COVER


ঈশ্বরকৃপায় আবির্ভাব-প্রয়োজনের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের বাল্যজীবনের সবিস্তার বিবরণ প্রকাশিত হল। নানা লোকের মুখ থেকে তাঁর সেই সময়ের ঘটনাগুলি অসম্বদ্ধভাবে শুনে আমাদের চিত্তে যে চিত্র অঙ্কিত হয়েছে, পাঠককে তার সঙ্গে পরিচিত করতেই আমাদের এই চেষ্টা। ঘটনাবলির সময়নিরূপণে শ্রীরামকৃষ্ণদেবের ভাগনে শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায় ও ভাইপো শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় প্রভৃতি আমাদের যথাসাধ্য সাহায্য করলেও কোনো কোনো ক্ষেত্রে তাতে ভুল হওয়ার সম্ভাবনা থেকে গেছে। কারণ, তাঁরা শ্রীরামকৃষ্ণদেবের পিতা ও অগ্রজ প্রভৃতির জন্মকোষ্ঠীগুলি আমাদের দিতে পারেননি; কিন্তু ‘শ্রীরামকৃষ্ণদেবের জন্মকালে তাঁর পিতার বয়স ৬১/৬২ বছর ছিল’, ‘তাঁর অগ্রজ রামকুমার তাঁর চেয়ে ৩১/৩২ বছরের বড় ছিলেন’, এইভাবে বলে সময় নিরূপণ করে দিয়েছিলেন।
সে যাই হোক, শ্রীরামকৃষ্ণদেবের জন্মের যে সন ও তারিখ আমরা গ্রন্থে লিপিবদ্ধ করলাম, তাতে কোনো ভুলের সম্ভাবনা যে নেই, তা পাঠক এই গ্রন্থের ‘মহাপুরুষের জন্মকথা’ নামের পঞ্চম অধ্যায় পাঠ করে নিঃসংশয়ে বুঝতে পারবেন। তাঁর নিজের উক্তি থেকেই আমরা তা নিরূপণ করতে পেরেছি, সুতরাং এর জন্য তিনিই প্রকৃতপক্ষে সর্বসাধারণের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। গ্রন্থের অনেক ঘটনাই আমরা তাঁর নিজমুখে শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণ-জীবনের লীলাবলি লিপিবদ্ধ করার শুরুতে আমরা তাঁর বাল্য ও যৌবনের ঘটনাগুলি যে এত বিশদ এবং সম্বদ্ধভাবে লিখতে পারব, এমন আশা করিনি। সুতরাং, যিনি মূককে বাগ্মী করতে এবং পঙ্গুকে বিশালগিরি-উল্লঙ্ঘনের সামর্থ্য দিতে সক্ষম, একমাত্র তাঁর কৃপাতেই তা সম্ভবপর হল ভেবে আমরা তাঁকে বারংবার প্রণাম করছি। উপসংহারে এ কথাও বলার আছে যে, পাঠক বর্তমান গ্রন্থের পরে ‘সাধকভাব’ ও ‘গুরুভাব’ গ্রন্থ পাঠ করলে শ্রীরামকৃষ্ণদেবের জন্মকাল থেকে সন ১২৮৭ সাল বা ইংরেজি ১৮৮১ খ্রিস্টাব্দ পর্যন্ত তাঁর জীবনেতিহাস ধারাবাহিকভাবে লিপিবদ্ধ দেখতে পাবেন। ইতি –
প্রণত
গ্রন্থকার
ধর্মই ভারতের সর্বস্ব
ভারত ও অন্যান্য দেশের আধ্যাত্মিক ভাব ও বিশ্বাসগুলির তুলনামূলক আলোচনা করলে, সেগুলির মধ্যে বিশেষ প্রভেদ উপলব্ধি করা যায়। দেখা যায়, ঈশ্বর, আত্মা, পরকাল প্রভৃতি ইন্দ্রিয়াতীত বস্তুগুলিকে ধ্রুবসত্যজ্ঞানে প্রত্যক্ষ করতে অতি প্রাচীনকাল থেকে ভারত নিজের সর্বস্ব নিয়োজিত করেছে এবং এমন সাক্ষাৎকার বা উপলব্ধিকেই ব্যক্তিগত এবং জাতিগত স্বার্থের চরম সীমা বলে সিদ্ধান্ত করেছে। তার সমগ্র চেষ্টা এক অপূর্ব আধ্যাত্মিকতায় চিরকালের জন্য রঞ্জিত হয়ে আছে।
ভারতে মহাপুরুষদের প্রতিনিয়ত জন্মগ্রহণই এমন হওয়ার কারণ
ইন্দ্রিয়াতীত বিষয়গুলিতে এমন একান্ত অনুরাগ কোথা থেকে এল, এ কথার মূল অন্বেষণ করলে বোঝা যায়, ভারতে দিব্যগুণ এবং প্রত্যক্ষসম্পন্ন পুরুষদের নিয়ত জন্মগ্রহণই তার একমাত্র কারণ। তাঁদের বিচিত্র দর্শন ও অসাধারণ শক্তি-প্রকাশ সর্বদা প্রত্যক্ষ এবং আলোচনা করেই ভারত সেসবে দৃঢ়বিশ্বাসী এবং অনুরাগী হয়ে উঠেছিল। ভারতের জাতীয় জীবন এভাবে বহু প্রাচীনকাল থেকে আধ্যাত্মিকতার সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে, প্রত্যক্ষ ধর্মলাভের লক্ষ্যে দৃষ্টি স্থির রেখে অদৃষ্টপূর্ব, অভিনব সমাজ এবং সামাজিক প্রথা সৃষ্টি করেছিল। জাতি এবং সমাজের প্রত্যেক ব্যক্তি নিজের প্রকৃতিগত গুণ অবলম্বনে দৈনন্দিন কর্মগুলি পালন করে ক্রমশ উন্নীত হয়ে যাতে শেষে ধর্মলাভ বা ঈশ্বরের সাক্ষাৎ লাভ করতে পারে, ভারতের সমাজ একমাত্র সেইদিকে লক্ষ রেখে নিয়ম এবং প্রথাগুলি বেঁধে দিয়েছিল। পুরুষানুক্রমে বহুকাল ধরে সেই সব নিয়ম প্রতিপালন করে আসার ফলেই ভারতে ধর্মভাবগুলি এখনও এতটা সজীব রয়েছে, এবং তপস্যা, সংযম ও তীব্র ব্যাকুলতার সাহায্যে প্রত্যেক ব্যক্তিই যে জগৎকারণ ঈশ্বরকে প্রত্যক্ষ করতে এবং তাঁর সঙ্গে নিত্য-যুক্ত হতে পারে, ভারতের প্রত্যেক নরনারী এ কথায় এখনও দৃঢ়বিশ্বাসী।
ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনের উপরে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত—তার প্রমাণ
শ্রীভগবানের দর্শনলাভের উপরেই যে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত, তা সহজেই অনুমান করা যায়। বৈদিক যুগ থেকে আমরা ধর্মসংস্থাপক আচার্যদের যে-সব নামে অভিহিত করেছি—ঋষি, আপ্ত, অধিকারী বা প্রকৃতি-লীন পুরুষ ইত্যাদি—সেই সব শব্দের অর্থ অনুধাবন করলেই এ কথা হৃদয়ঙ্গম হবে। অতীন্দ্রিয় পদার্থের সাক্ষাৎকার লাভ করে অসাধারণ শক্তির পরিচয় দিয়েছিলেন বলেই যে তাঁরা ওই সব নামে অভিহিত হয়েছিলেন, তাতে সন্দেহ নেই। বৈদিক যুগের ঋষিদের থেকে আরম্ভ করে পৌরাণিক যুগের অবতার বলে প্রথিত পুরুষদের প্রত্যেকের সম্বন্ধেই পূর্বোক্ত কথা সমানভাবে বলা যায়।
ভারতে অবতারবিশ্বাস দেখা দেওয়ার কারণ ও ক্রম। সাংখ্যদর্শনোক্ত ‘কল্পনিয়ামক ঈশ্বর’
আবার বৈদিক যুগের ঋষিই যে কালক্রমে পৌরাণিক যুগে ঈশ্বরাবতার বলে পরিগণিত হয়েছিলেন, তা বুঝতে বিলম্ব হয় না। বৈদিক যুগে মানুষ কয়েকজন পুরুষকে ইন্দ্রিয়াতীত পদার্থ দর্শন করতে সমর্থ বলে বুঝতে পারলেও, এ বিষয়ে তাঁদের পরস্পরের শক্তির তারতম্য উপলব্ধি করতে পারেনি, তাই তাঁদের প্রত্যেককে শুধু ‘ঋষি’ নাম দিয়েই সন্তুষ্ট হয়েছিল। কিন্তু কালক্রমে মানুষের বুদ্ধি ও তুলনা করার শক্তি যত বাড়ল, ততই সে উপলব্ধি করতে লাগল—ঋষিরা সকলেই সমশক্তিসম্পন্ন নন; আধ্যাত্মিক জগতে তাঁদের কেউ সূর্যের মতো, কেউ চন্দ্রের মতো, কেউ উজ্জ্বল নক্ষত্রের মতো, আবার কেউ বা সামান্য খদ্যোতের মতো দীপ্তি ছড়িয়ে জ্যোতিষ্মান হয়ে আছেন। মানুষ তখন ঋষিদের শ্রেণিবদ্ধ করার চেষ্টা শুরু করল এবং তাঁদের মধ্যে কয়েকজনকে আধ্যাত্মিক শক্তিপ্রকাশে বিশেষ সামর্থ্যবান বা এই শক্তির বিশেষভাবে অধিকারী বলে সিদ্ধান্ত করল। এভাবে দার্শনিক যুগে কয়েকজন ঋষি ‘অধিকারি-পুরুষ’ নামে অভিহিত হলেন। ঈশ্বরের অস্তিত্বে সন্দেহবান সাংখ্যকার আচার্য কপিল পর্যন্ত এমন পুরুষদের অস্তিত্বে সন্দেহ করতে পারেননি; কারণ, সাক্ষাৎ প্রত্যক্ষকে কে কবে সন্দেহ করতে পারে? সুতরাং শ্রীভগবান কপিল ও তাঁর পদানুসারী সাংখ্যাচার্যদের গ্রন্থে দেখা যায়, ‘অধিকারি-পুরুষেরা’ ‘প্রকৃতি-লীন’ নামে স্থান পেয়েছেন। এই অসাধারণ শক্তিশালী পুরুষদের উৎপত্তির কারণ নির্ণয় করতে গিয়ে তাঁরা বলেছেন –
পবিত্রতা, সংযমাদি গুণে ভূষিত হয়ে পূর্ণজ্ঞান লাভ করতে পারলেও এমন পুরুষদের মনে লোককল্যাণসাধনের বাসনা তীব্রভাবে জেগে থাকে, সেজন্য তাঁরা অনন্তমহিমামণ্ডিত স্ব-স্বরূপে কিছুকাল লীন হতে পারেন না; বরং সেই বাসনার বলে সর্বশক্তিমতী প্রকৃতির অঙ্গে লীন হয়ে তাঁর শক্তিসমূহকে নিজেদের শক্তিরূপে প্রত্যক্ষ করতে থাকেন, এবং এভাবে ষড়ৈশ্বর্যসম্পন্ন হয়ে এক কল্পকাল ধরে অশেষ প্রকারে জনকল্যাণ সাধন করে পরিণামে স্ব-স্বরূপে অবস্থান করেন।
‘প্রকৃতি-লীন’ পুরুষদের মধ্যে শক্তির তারতম্য অনুসারে সাংখ্যাচার্যেরা আবার দুই শ্রেণির উল্লেখ করেছেন—‘কল্পনিয়ামক ঈশ্বর’ ও ‘ঈশ্বর-কোটি’।
ভক্তি-যুগের বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বর
দার্শনিক যুগের শেষে ভারতে বিশেষভাবে ভক্তি-যুগের আবির্ভাব হয়েছিল। বেদান্তের তীব্র নির্ঘোষে ভারত-ভারতী তখন সর্ব ব্যক্তির সমষ্টিভূত এক বিরাটব্যক্তিত্ববান ঈশ্বরে বিশ্বাসী হয়ে উঠল, এবং কেবলমাত্র অনন্যভক্তির সাহায্যে যে তাঁর উপাসনায় জ্ঞান এবং যোগের পূর্ণতা লাভ হয়, এ কথায় শ্রদ্ধাবান হল। সুতরাং সাংখ্যদর্শনোক্ত ‘কল্পনিয়ামক ঈশ্বরকে’ তখন নিত্যশুদ্ধবুদ্ধমুক্তস্বভাববিশিষ্ট বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বরের আংশিক বা পূর্ণ প্রকাশে পরিণত করতে বিলম্ব হল না। পৌরাণিক যুগে অবতারবিশ্বাসের উৎপত্তি এবং বৈদিক যুগের বিশিষ্টগুণশালী ঋষির ঈশ্বরাবতারত্বে পরিণতি এভাবেই ঘটেছিল বলে অনুমান করা যায়। অতএব, স্পষ্ট বোঝা যায়, অসাধারণ আধ্যাত্মিকশক্তিসম্পন্ন পুরুষদের আবির্ভাব দর্শন করেই ভারত ক্রমে ঈশ্বরাবতারত্বে বিশ্বাসী হয়েছিল, এবং এমন মহাপুরুষদের অতীন্দ্রিয় দর্শন ও অনুভবাদির উপরেই ভারতীয় ধর্মের সুদৃঢ় সৌধ ধীরে ধীরে উত্থিত হয়ে তুষারমণ্ডিত হিমাচলের মতো গগন স্পর্শ করেছিল। ভারত এই পুরুষদের মানবজীবনের সর্বোচ্চ উদ্দেশ্যলাভে কৃতার্থ জ্ঞান করে ‘আপ্ত’ সংজ্ঞা দিয়েছিল, এবং তাঁদের বাণীসমূহে জ্ঞানের পরাকাষ্ঠা দেখে সেগুলিকে ‘বেদ’ শব্দে অভিহিত করেছিল।
অবতারবিশ্বাসের অন্য কারণ—গুরূপাসনা
বিশিষ্ট ঋষিদের ঈশ্বরাবতারত্বে পরিণতির অন্য প্রধান কারণ—ভারতের গুরু-উপাসনা। বেদোপনিষদের যুগ থেকেই ভারত-ভারতী বিশেষ শ্রদ্ধার সঙ্গে জ্ঞানদাতা আচার্য গুরুর উপাসনা করে আসছিল। সেই পূজোপাসনাই কালক্রমে তাদের দেখিয়ে দেয় যে, মানুষের ভিতর অতীন্দ্রিয় ঐশী শক্তির আবির্ভাব না হলে সে কখনও গুরুপদ গ্রহণ করতে পারে না। সাধারণ মানবজীবনের স্বার্থপরতার সঙ্গে যথার্থ গুরুদের অহেতুক করুণায় লোকহিতাচরণের তুলনা করে তারা প্রথমে তাঁদের এক ভিন্ন উচ্চশ্রেণির মানবজ্ঞানে পূজা করতে থাকে। পরে তাদের মনে আস্তিক্য, শ্রদ্ধা ও ভক্তি ঘনীভূত হলে তারা যথার্থ গুরুদের অলৌকিক শক্তিপ্রকাশ যত প্রত্যক্ষ করেছিল, তাঁদের দেবত্বে ততই দৃঢ়বিশ্বাসী হয়েছিল। তারা বুঝেছিল যে, ভবরোগ থেকে মুক্ত হওয়ার জন্য তারা এতকাল ধরে শ্রীভগবানের করুণাপূর্ণ দক্ষিণামূর্তির কাছে যে সহায়তা প্রার্থনা করছিল—“রুদ্র যত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যং”—গুরুদের ভিতর দিয়ে তা-ই এখন তাদের কাছে উপস্থিত হয়েছে, শ্রীভগবানের করুণাই মূর্তিমতী গুরুশক্তিরূপে তাদের সমক্ষে প্রকাশিত রয়েছে।
বেদ এবং সমাধি-প্রসূত দর্শনের উপর অবতারবাদের ভিত্তি প্রতিষ্ঠিত
আবার গুরূপাসনায় মানবমন যখন এতদূর অগ্রসর হল, তখন যাঁদের আশ্রয় করে সেই শক্তির বিশেষ লীলা প্রকটিত হতে লাগল, তাঁদের শ্রীভগবানের জ্ঞানপ্রদা দক্ষিণামূর্তির সঙ্গে অভিন্নভাবে দেখতে তার বিলম্ব হল না। এভাবে আচার্যোপাসনা কালক্রমে ভারতে অবতারবাদ আনতে ও পরিপুষ্ট করতে সহায়তা করেছিল বলে মনে হয়। অতএব, অবতারবাদের স্পষ্ট অভিব্যক্তি পৌরাণিক যুগে দেখা দিলেও, তার মূল যে বৈদিক যুগ পর্যন্ত অধিকার করে আছে, তা আর বলতে হবে না। বেদ, উপনিষদ এবং দর্শনের যুগে মানুষ ঈশ্বরের গুণ, কর্ম ও প্রকৃতি সম্বন্ধে যে-সব অভিজ্ঞতা লাভ করেছিল, পৌরাণিক যুগে সেই সবই স্পষ্ট আকার ধারণ করে অবতারবিশ্বাসরূপে অভিব্যক্ত হল। অথবা, সংযম-তপস্যাদির সাহায্যে ঔপনিষদিক যুগে মানুষ যখন ‘নেতি নেতি’-মার্গে অগ্রসর হয়ে নির্গুণব্রহ্মের উপাসনায় সাফল্য লাভ করল এবং সমাধিরাজ্য থেকে বিলোমমার্গ অবলম্বনে অবতরণ করে সমগ্র জগৎকে ব্রহ্মপ্রকাশ বলে দেখতে সমর্থ হল, তখনই সগুণ বিরাট ব্রহ্ম বা ঈশ্বরের প্রতি তার প্রেম-ভক্তি জাগল, সে তাঁর উপাসনায় প্রবৃত্ত হল—এবং তখনই সে তাঁর গুণ, কর্ম, স্বভাবাদি সম্বন্ধে একটা স্থিরসিদ্ধান্তে উপনীত হয়ে, তাঁর বিশেষভাবে অবতীর্ণ হওয়ার কথায় বিশ্বাসী হল।
ঈশ্বরের করুণার উপলব্ধি থেকেই পৌরাণিক যুগে অবতারবাদ-প্রচার
আগে বলা হয়েছে, পৌরাণিক যুগেই ভারতে অবতারবিশ্বাস বিশেষভাবে প্রকটিত হয়েছিল। সেই যুগের আধ্যাত্মিক বিকাশে নানা দোষ দেখা গেলেও, একমাত্র অবতার-মহিমা-প্রকাশেই তার বিশেষত্ব এবং মহত্ত্ব স্পষ্ট হৃদয়ঙ্গম হয়। কারণ, অবতার-বিশ্বাস আশ্রয় করেই মানুষ সগুণব্রহ্মের নিত্যলীলাবিলাস বুঝতে পেরেছে। তা থেকেই সে বুঝেছে যে, জগৎকারণ ঈশ্বরই আধ্যাত্মিক জগতে তার একমাত্র পথপ্রদর্শক; এবং তা থেকেই সে হৃদয়ঙ্গম করেছে যে, সে যতকাল ধরে যতই দুর্নীতিপরায়ণ হোক না কেন, শ্রীভগবানের অপার করুণা তাকে চিরদিন বিনাশের পথে অগ্রসর হতে কখনই দেবে না—বরং বিগ্রহবতী হয়ে সেই করুণা যুগে যুগে আবির্ভূত হবে এবং তার প্রকৃতির উপযোগী নব নব আধ্যাত্মিক পথ আবিষ্কার করে তার পক্ষে ধর্মলাভ সুগম করে দেবে।
অবতারপুরুষের দিব্যস্বভাব-সম্বন্ধে শাস্ত্রোক্তির সারসংক্ষেপ
অমিতগুণসম্পন্ন অবতারপুরুষদের দিব্যজন্মকর্মাদি সম্বন্ধে স্মৃতি ও পুরাণগুলিতে যা লিপিবদ্ধ আছে, তার সারসংক্ষেপ এখানে উল্লেখ করলে মন্দ হবে না। স্মৃতি ও পুরাণ বলেন, অবতারপুরুষ ঈশ্বরের মতো নিত্য-শুদ্ধ-বুদ্ধ-মুক্ত-স্বভাববান। জীবের মতো কর্মবন্ধনে তিনি কখনও আবদ্ধ হন না। কারণ, জন্ম থেকেই আত্মারাম বলে পার্থিব ভোগসুখলাভের জন্য জীবের মতো স্বার্থচেষ্টা তাঁর ভিতর কখনও জাগে না; শরীরধারণের পর তাঁর সমগ্র চেষ্টা হয় অপরের কল্যাণের জন্য। আবার, মায়ার অজ্ঞানবন্ধনে কখনও আবদ্ধ না হওয়ায় পূর্ব পূর্ব জন্মে শরীরপরিগ্রহ করে তিনি যে-সব কর্মানুষ্ঠান করেছিলেন, সেসবের স্মৃতি তাঁর ভিতর লুপ্ত হয় না।
অবতারপুরুষের অখণ্ড স্মৃতিশক্তি
প্রশ্ন হতে পারে, এমন অখণ্ড স্মৃতি কি তবে তাঁর মধ্যে আশৈশব বিদ্যমান থাকে? উত্তরে পুরাণকার বলেন, অন্তরে বিদ্যমান থাকলেও শৈশবে তাঁর মধ্যে সেই স্মৃতির প্রকাশ থাকে না; কিন্তু শরীর-মনোরূপ যন্ত্র দুটি সর্বাঙ্গসম্পন্ন হওয়ামাত্র স্বল্প আয়াসে বা বিনা আয়াসে তাঁর মধ্যে তা উদিত হয়। তাঁর প্রত্যেক চেষ্টা সম্বন্ধেই এ কথা বুঝতে হবে; কারণ, মনুষ্যশরীর ধারণ করেন বলে তাঁর সকল চেষ্টা সবদিক দিয়ে মানুষের মতো হয়।
অবতারপুরুষের নবধর্ম স্থাপন
এভাবে শরীর-মন পূর্ণতা পাওয়ামাত্র অবতারপুরুষ তাঁর বর্তমান জীবনের উদ্দেশ্য সম্যক অবগত হন। তিনি বুঝতে পারেন যে, ধর্মসংস্থাপনের জন্যই তাঁর আগমন হয়েছে। আবার সেই উদ্দেশ্য সফল করতে যা কিছু প্রয়োজন হয়, তা কোথা থেকে কোন অচিন্ত্য উপায়ে তাঁর কাছে আপনা-আপনি এসে উপস্থিত হয়। সাধারণ মানুষের কাছে যে পথ সর্বদা অন্ধকারময় বলে মনে হয়, তিনি সেই মার্গে উজ্জ্বল আলো দেখতে পেয়ে অকুতোভয়ে অগ্রসর হন এবং উদ্দেশ্যলাভে কৃতার্থ হয়ে জনসাধারণকে সেই পথে চালিত করেন। এভাবে তিনি যুগে যুগে মায়াতীত ব্রহ্মস্বরূপের এবং জগৎকারণ ঈশ্বরের উপলব্ধির অদৃষ্টপূর্ব নতুন নতুন পথ পুনঃপুনঃ আবিষ্কার করেন।
অবতারপুরুষের আবির্ভাবকাল সম্বন্ধে শাস্ত্রোক্তি
অবতারপুরুষের গুণ, কর্ম, স্বভাবাদি এভাবে নির্ণয় করেই পুরাণকারেরা ক্ষান্ত হননি, তাঁর আবির্ভাবকাল পর্যন্ত স্পষ্ট নিরূপণ করেছেন। তাঁরা বলেন, সনাতন সর্বজনীন ধর্ম যখন কালপ্রভাবে গ্লানিযুক্ত হয়, যখন মায়াপ্রসূত অজ্ঞানের অনির্বচনীয় প্রভাবে মুগ্ধ হয়ে মানব ইহকাল এবং পার্থিব ভোগসুখলাভকেই সর্বস্ব জ্ঞান করে জীবন অতিবাহিত করতে থাকে এবং আত্মা, ঈশ্বর, মুক্তি প্রভৃতি অতীন্দ্রিয় নিত্য পদার্থগুলিকে কোনো এক ভ্রমান্ধ যুগের স্বপ্নরাজ্যের কবিকল্পনা বলে ধারণা করে বসে—যখন ছলে-বলে-কৌশলে পার্থিব সর্বপ্রকার সম্পদ ও ইন্দ্রিয়সুখ লাভ করেও সে প্রাণের অভাব দূর করতে না পেরে অশান্তির অন্ধতমসাবৃত অকূল প্রবাহে নিপতিত হয় এবং যন্ত্রণায় হাহাকার করতে থাকে—তখনই শ্রীভগবান নিজ মহিমায় সনাতন ধর্মকে রাহুগ্রাসমুক্ত শশধরের মতো উজ্জ্বল করে তোলেন এবং দুর্বল মানবের প্রতি কৃপায় বিগ্রহবান হয়ে তার হাত ধরে তাকে পুনরায় ধর্মপথে প্রতিষ্ঠিত করেন। কারণ না থাকলে কার্যের উৎপত্তি কখনও সম্ভবপর নয়—তেমনই সর্বজনীন অভাব দূর করার প্রয়োজন না থাকলে ঈশ্বরও কখনও লীলাচ্ছলে শরীরপরিগ্রহ করেন না। কিন্তু তেমন কোনো অভাব যখন সমাজের প্রতি অঙ্গকে অভিভূত করে, শ্রীভগবানের অসীম করুণাও তখন ঘনীভূত হয়ে তাঁকে জগদ্গুরুরূপে আবির্ভূত হতে প্রবৃত্ত করে। এমন প্রয়োজন দূর করতে এমন লীলাবিগ্রহের বারংবার আবির্ভাব প্রত্যক্ষ করেই যে পুরাণকারেরা ওই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, তা বলাই বাহুল্য।
বর্তমানকালে অবতারপুরুষের পুনরাগমন
অতএব দেখা যাচ্ছে, নবীন ধর্মের আবিষ্কর্তা জগদ্গুরু, সর্বজ্ঞ অবতারপুরুষ যুগ-প্রয়োজন সাধনের জন্যই আবির্ভূত হন। ধর্মক্ষেত্র ভারত নানা যুগে বহুবার তাঁর পদাঙ্ক হৃদয়ে ধারণ করে পবিত্র হয়েছিল। যুগ-প্রয়োজন উপস্থিত হলে অমিতগুণসম্পন্ন অবতারপুরুষের শুভাবির্ভাব এখনও ভারতে দেখা যায়। মাত্র চারশো বছরের কিছু বেশি আগে এভাবে শ্রীভগবান শ্রীকৃষ্ণচৈতন্য ভারতীর অদৃষ্টপূর্ব মহিমায় শ্রীহরির নামসংকীর্তনে উন্মত্ত হওয়ার কথা লোকপ্রসিদ্ধ। আবার কি সেই কাল উপস্থিত হয়েছে? আবার কি বিদেশির কাছে ঘৃণাস্পদ, নষ্টগৌরব, দরিদ্র ভারতে যুগ-প্রয়োজন উপস্থিত হয়ে শ্রীভগবানের করুণায় বিষম আলোড়ন তুলে তাঁকে বর্তমানকালে শরীরপরিগ্রহ করিয়েছে? হে পাঠক, অশেষকল্যাণগুণসম্পন্ন যে মহাপুরুষের কথা আমরা তোমাকে বলতে বসেছি, তাঁর জীবনালোচনায় বোঝা যাবে, তেমনই ঘটেছে—শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণাদিরূপে পূর্ব পূর্ব যুগে যিনি আবির্ভূত হয়ে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত করেছিলেন, বর্তমানকালের যুগ-প্রয়োজন সাধন করতে তাঁর শুভাগমন প্রত্যক্ষ করে ভারত পুনরায় ধন্য হয়েছে।
মানুষ বর্তমানকালে কতটা উন্নত ও শক্তিশালী হয়েছে
বিদ্যা, সম্পদ ও পুরুষকারের সাহায্যে মানবজীবন বর্তমানকালে পৃথিবীর সর্বত্র কতটা প্রসার লাভ করছে, তা অতি স্থূলদর্শী ব্যক্তিও সহজে হৃদয়ঙ্গম করতে পারে। মানুষ যেন কোনো ক্ষেত্রেই এখন আর একটা গণ্ডির ভিতর আবদ্ধ হয়ে থাকতে চাইছে না। স্থলে জলে যথেচ্ছ ঘুরে বেড়িয়েও সুখী না হয়ে সে এখন অভিনব যন্ত্র আবিষ্কার করে গগনচারী হয়েছে; তমসাবৃত সমুদ্রতলে ও জ্বালাময় আগ্নেয়গিরিগর্ভে অবতীর্ণ হয়ে সে নিজের কৌতূহল নিবৃত্ত করেছে; চিরহিমানীমণ্ডিত পর্বত ও সাগরপারে গিয়ে সে ওইসব প্রদেশের রহস্য যথাযথভাবে প্রত্যক্ষ করতে পেরেছে; পৃথিবীর ক্ষুদ্র ও বৃহৎ যাবতীয় লতা, ওষধি ও পাদপের ভিতর সে নিজের মতো প্রাণস্পন্দনের পরিচয় পেয়েছে এবং সর্বপ্রকার প্রাণিজাতকে নিজের প্রত্যক্ষ ও বিচারচক্ষুর অন্তর্ভুক্ত করে জ্ঞানসিদ্ধিরূপ নিজস্ব উদ্দেশ্যের দিকে অগ্রসর হচ্ছে। ক্ষিতি, অপ্, তেজ প্রভৃতি ভূতপঞ্চের উপর এভাবে আধিপত্য স্থাপন করে সে এখন জড়া পৃথিবীর প্রায় সমস্ত কথা জেনে নিয়েছে এবং তাতেও সন্তুষ্ট না থেকে সুদূরাবস্থিত গ্রহনক্ষত্রাদির সম্যক সংবাদ নিতে উদ্গ্রীব হয়ে ক্রমে সে কাজেও সফল হচ্ছে। অন্তর্জগৎ পরিদর্শনেও তার উদ্যমের অভাব দেখা যাচ্ছে না। ভূয়োদর্শন এবং গবেষণার সাহায্যে এ ক্ষেত্রেও মানুষ এখন নিত্য নতুন তত্ত্ব আবিষ্কার করছে। জীবনরহস্য অনুশীলন করতে গিয়ে সে একজাতীয় প্রাণীর অন্য জাতিতে পরিণত হওয়ার বা ক্রমাভিব্যক্তির কথা জানতে পেরেছে; শরীর ও মনের স্বভাব আলোচনা করে আদ্যন্তবান সূক্ষ্ম জড়োপাদানে মন গঠিত, এই তত্ত্ব নির্ণয় করতে পেরেছে; জড়জগতের মতো অন্তর্জগতের প্রত্যেক ঘটনা অলঙ্ঘ্য নিয়মসূত্রে গ্রথিত বলে জানতে পেরেছে এবং আত্মহত্যাদি অসম্বদ্ধ মানসিক ব্যাপারগুলির মধ্যেও সূক্ষ্ম নিয়মশৃঙ্খলের পরিচয় পেয়েছে। আবার ব্যক্তিগত জীবনের চিরাস্তিত্ব সম্বন্ধে কোনোরকম নিশ্চিত প্রমাণ লাভ করতে না পারলেও, ইতিহাস আলোচনা করে মানুষ তার জাতিগত জীবনের ক্রমোন্নতি প্রত্যক্ষ করেছে। ব্যক্তিগত জীবনের সার্থকতা এভাবে জাতিগত জীবনে দেখতে পেয়ে সে এখন সেই জীবনের সাফল্যের জন্য বিজ্ঞান ও সংহত চেষ্টার সাহায্যে অজ্ঞানের সঙ্গে চিরসংগ্রামে ব্রতী হয়েছে এবং অনন্ত সংগ্রামে অনন্ত উন্নতি কল্পনা করে বহিরন্তর-রাজ্যের দুর্লক্ষ্য প্রদেশগুলিতে পৌঁছবার জন্য অনন্ত বাসনাপ্রবাহে আপন জীবনতরী ভাসিয়ে দিয়েছে।
এই উন্নতি ও শক্তির কেন্দ্র পাশ্চাত্য; সেখান থেকে প্রাচ্যে ভাববিস্তার
পাশ্চাত্য মানবকে অবলম্বন করে ওই জীবন-প্রসার বিশেষভাবে উদিত হলেও ভারতপ্রমুখ প্রাচ্য দেশগুলিতেও তার প্রভাব কম দেখা যাচ্ছে না। বিজ্ঞানের অদম্য শক্তিতে প্রাচ্য ও পাশ্চাত্য প্রদেশের সম্বন্ধ প্রতিদিন যত ঘনিষ্ঠ হচ্ছে, প্রাচ্য মানবের প্রাচীন জীবনসংস্কারসমূহ ততই পরিবর্তিত হয়ে পাশ্চাত্য মানবের ভাবে গড়ে উঠছে। পারস্য, চীন, জাপান, ভারত প্রভৃতি দেশের বর্তমান অবস্থা আলোচনা করলে এ কথা বোঝা যায়। ফলাফল ভবিষ্যতে যেমনই হোক না কেন, প্রাচ্যের উপর পাশ্চাত্যের এই ভাববিস্তার সম্বন্ধে কোনো সন্দেহই থাকে না, এবং কালক্রমে সমগ্র পৃথিবী যে পাশ্চাত্যভাবে ভাবিত হবে, তা অবশ্যম্ভাবী বলে বোধ হয়।
পাশ্চাত্য মানবের জীবন দেখে সেই উন্নতির ভবিষ্যৎ ফলাফল নির্ণয় করতে হবে
ওই প্রসারের ফলাফল নির্ণয় করতে হলে আমাদের প্রধানত পাশ্চাত্যকেই অবলম্বন করতে হবে। বিচারের সাহায্যে পাশ্চাত্য মানবের জীবন বিশ্লেষণ করে দেখতে হবে—ওই প্রসারের মূল কোথায় এবং তা কেমন স্বভাবের, তার প্রভাবে পাশ্চাত্য জীবনের পূর্বতন উত্তমাধম ভাবগুলির কতটা উন্নতি ও বিলোপ ঘটেছে এবং তার ফলে পাশ্চাত্যে ব্যক্তিগত মানবমনে সুখ ও দুঃখ আগের চেয়ে কতটা বেড়েছে বা কমেছে। এভাবে ব্যষ্টি ও সমষ্টিভূত পাশ্চাত্য-জীবনে তার ফলাফল একবার নির্ণীত হলে, দেশকালভেদে অন্যত্র তা নির্ণয় করা কঠিন হবে না।
পাশ্চাত্য মানবের উন্নতির কারণ ও ইতিহাস
ইতিহাস স্পষ্টাক্ষরে বলছে, দুঃসহ শীতের প্রকোপ অতি প্রাচীনকাল থেকে পাশ্চাত্য মানবমনে দেহবুদ্ধির দৃঢ়তা এনে তাকে একদিকে যেমন স্বার্থপর করে তুলেছিল, অপরদিকে তেমনি আবার সংহত চেষ্টায় স্বার্থসিদ্ধি—এ কথা সহজেই বুঝিয়ে তার মধ্যে স্বজাতিপ্রীতি জাগিয়ে তুলেছিল। এই স্বার্থপরতা এবং স্বজাতিপ্রীতিই কালক্রমে তাকে অদম্য উৎসাহে অপর জাতিগুলিকে পরাজিত করে তাদের ধনসম্পদে নিজের জীবন ভূষিত করতে প্ররোচিত করল। তার ফলে যখন সে নিজের জীবনযাত্রার কতকটা সুসার করতে পারল, তখনই তার মধ্যে ধীরে ধীরে অন্তর্দৃষ্টির আবির্ভাব হল এবং সেই অন্তর্দৃষ্টি তাকে ক্রমে বিদ্যা ও সদ্গুণ-সম্পন্ন হওয়ার দিকে টেনে নিল। এমনি করে জীবনসংগ্রাম ছাড়া অন্য উচ্চ বিষয়গুলির দিকে তার দৃষ্টি আকৃষ্ট হওয়ামাত্র সে দেখতে পেল—ওই লক্ষ্যে অগ্রসর হওয়ার পথে ধর্মবিশ্বাস এবং পুরোহিতকুলের প্রাধান্য তার অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে। দেখল, বিদ্যাশিক্ষা করলে শ্রীভগবানের অপ্রসন্নতায় অনন্তনিরয়গামী হতে হবে, কেবলমাত্র এ কথা বলেই পুরোহিতকুল নিশ্চিন্ত নন; ছলে বলে কৌশলে তাকে ওই পথে অগ্রসর হতে বাধা দিতেও বদ্ধপরিকর। তখন স্বার্থসাধন-তৎপর পাশ্চাত্য মানবের কর্তব্য নির্ধারণ করতে বিলম্ব হল না। সবলহস্তে পুরোহিতকে দূরে ছুড়ে ফেলে সে নিজের গন্তব্যপথে অগ্রসর হল। এভাবে ধর্মযাজকের সঙ্গে শাস্ত্র ও ধর্মবিশ্বাসকেও দূরে সরিয়ে দিয়ে পাশ্চাত্য নবীন পথে নিজের জীবন পরিচালিত করল; এবং পঞ্চেন্দ্রিয়গ্রাহ্যতারূপ নিশ্চিত প্রমাণ প্রয়োগ না করে কোনো বিষয় কখনও বিশ্বাস বা গ্রহণ করবে না, এটাই তার কাছে মূলমন্ত্র হয়ে উঠল।
ইন্দ্রিয়প্রত্যক্ষের উপর দাঁড়িয়ে বিচার-অনুমানাদি করে কোনো বিষয়ের সত্যাসত্য নিরূপণ করতে হবে, এই স্থির করে পাশ্চাত্য তখন থেকে যুষ্মদ্প্রত্যয়গোচর বিষয়ের উপাসক হয়ে পড়ল এবং অস্মদ্প্রত্যয়গোচর বিষয়ীকে বিষয়গুলির মধ্যে অন্যতম ভেবে তার স্বভাবাদিও ওই প্রমাণ প্রয়োগ করেই জানতে অগ্রসর হল। চারশো বছর হল সে এভাবে জাগতিক প্রত্যেক ব্যক্তি বা বিষয়কে পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে পরীক্ষা করে গ্রহণ করতে আরম্ভ করেছে এবং এই সময়ের ভিতরেই বর্তমান যুগের জড়বিজ্ঞান শৈশবের জড়তা এবং অসহায়তা থেকে মুক্ত হয়ে যৌবনের উদ্যম, আশা, আনন্দ ও বলোন্মত্ততায় পৌঁছেছে।
আত্মবিজ্ঞান সম্বন্ধে পাশ্চাত্য মানবের মূর্খতা এর কারণ; এবং সেজন্য তার মনের অশান্তি
কিন্তু জড়বিজ্ঞানের সবিশেষ উন্নতি ঘটাতে পারলেও, ওই নীতি আত্মবিজ্ঞান সম্বন্ধে পাশ্চাত্যকে পথ দেখাতে পারেনি। কারণ সংযম, স্বার্থহীনতা এবং অন্তর্মুখতাই সেই বিজ্ঞানলাভের একমাত্র পথ এবং নিরুদ্ধবৃত্তি মনই আত্মোপলব্ধির একমাত্র যন্ত্র। অতএব, বহির্মুখ পাশ্চাত্য যে এ বিষয়ে পথ হারিয়ে দিন দিন দেহাত্মবাদী নাস্তিক হয়ে উঠছে, তাতে আশ্চর্যের কিছুমাত্র নেই। সেজন্য ঐহিকের ভোগসুখই পাশ্চাত্যের কাছে এখন সর্বস্ব বলে পরিগণিত এবং তা লাভ করতেই সে সবিশেষ যত্নশীল; এবং তার বিজ্ঞানলব্ধ পদার্থজ্ঞান প্রধানত সে কাজেই প্রযুক্ত হয়ে তাকে দিন দিন দাম্ভিক ও স্বার্থপর করে তুলেছে। সেজন্যই দেখতে পাওয়া যায়, পাশ্চাত্যে সুবর্ণগত জাতিবিভাগ, প্রলয়বিষাণনাদী করাল কামানবন্দুকাদি, অসামান্য শ্রীর পাশে দারিদ্র্যজাত অসীম অসন্তোষ এবং ভীষণ ধনপিপাসা, পরদেশাধিকার ও পরজাতি-প্রপীড়নাদি। সেজন্যই আবার দেখতে পাওয়া যায়, ভোগসুখের চরমে পৌঁছেও পাশ্চাত্য নরনারীর আত্মার অভাব ঘুচছে না এবং মৃত্যুর পারে জাতিগত অস্তিত্বে বিশ্বাসমাত্র অবলম্বন করে তারা কিছুতেই সুখী হতে পারছে না। বিশেষ অনুসন্ধানের ফলে পাশ্চাত্য এখন বুঝেছে যে, পঞ্চেন্দ্রিয়জনিত জ্ঞান দিয়ে সে দেশকালাতীত বস্তুতত্ত্ব কখনও আবিষ্কার করতে পারবে না। বিজ্ঞান তাকে সেই বস্তুর ক্ষণিক আভাসমাত্র দিয়ে, তা ধরা-বোঝা তার সাধ্যাতীত বলে থেমে যায়। অতএব যে দেবতার বলে সে নিজেকে এতকাল বলীয়ান ভেবেছিল, যাঁর প্রসাদে তার যাবতীয় ভোগশ্রী ও সম্পদ, সেই দেবতার পরাভবে পাশ্চাত্য মানবের আন্তরিক হাহাকার এখন দিন দিন বাড়ছে এবং সে নিজেকে নিতান্ত নিরুপায় ভাবছে।
পাশ্চাত্যের মতো উন্নতিলাভ করতে হলে স্বার্থপর ও ভোগলোলুপ হতে হবে
পাশ্চাত্য জীবনের ওই ইতিহাস আলোচনা করে আমরা দেখতে পাচ্ছি যে, তার প্রসারভিত্তির মূলে বিষয়প্রবণতা, স্বার্থপরতা এবং ধর্মবিশ্বাসহীনতা বিদ্যমান। অতএব ব্যক্তিগত বা জাতিগত জীবনে পাশ্চাত্যের অনুরূপ ফল লাভ করতে হলে স্বেচ্ছায় বা অনিচ্ছায় অপরকে সেই ভিত্তির উপরেই নিজের জীবন প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য দেখতে পাওয়া যায়, জাপানি প্রভৃতি যেসব প্রাচ্য জাতি পাশ্চাত্যের ভাবে জাতীয় জীবন গঠন করতে তৎপর হয়েছে, স্বদেশ ও স্বজাতিপ্রীতির সঙ্গে তাদের মধ্যে ওই দোষগুলিও দেখা দিচ্ছে। পাশ্চাত্যভাবে ভাবিত হওয়ার এটাই বিষম দোষ। পাশ্চাত্যসংসর্গে ভারতের জাতীয় জীবনে যে অবস্থা দেখা দিয়েছে, তা আলোচনা করলে এ কথা আমরা স্পষ্ট বুঝতে পারব।
ভারতের প্রাচীন জাতীয় জীবনের ভিত্তি
এখানে প্রথমেই প্রশ্ন উঠবে—পাশ্চাত্যসংসর্গে আসার আগে ‘জাতীয় জীবন’ বলে একটা কথা ভারতে বিদ্যমান ছিল কি না। উত্তরে বলতে হবে, কথা না থাকলেও সেই কথার লক্ষ্য যা, তা যে একভাবে না একভাবে ছিল, সে বিষয়ে সন্দেহ নেই। কারণ, তখনও সমগ্র ভারত শ্রীগুরু, গঙ্গা, গায়ত্রী ও গীতায় শ্রদ্ধাপরায়ণ ছিল, তখনও গোজাতির পূজা তার সর্বত্র দেখা যেত, তখনও ভারতের আবালবৃদ্ধ নরনারী রামায়ণ ও মহাভারতাদি ধর্মগ্রন্থ থেকে একই ভাবতরঙ্গ হৃদয়ে বহন করে জীবন পরিচালনা করত এবং তার বিভিন্ন বিভাগের বুধমণ্ডলী নিজ নিজ মনোভাব দেবভাষায় পরস্পরের কাছে ব্যক্ত করতে পারতেন। এমন আরও অনেক একতাসূত্রের উল্লেখ করা যেতে পারে এবং ধর্মভাব ও ধর্মানুষ্ঠান যে সেই একতার শ্রেষ্ঠ অবলম্বন ছিল, তা নিঃসংশয়ে বোঝা যায়।
সেই জীবন ধর্মে প্রতিষ্ঠিত ছিল বলে ভোগ-সাধন নিয়ে ভারতের সমাজে কখনও বিবাদ বাধেনি
ভারতের জাতীয় জীবন এভাবে ধর্মকে অবলম্বন করে প্রতিষ্ঠিত ছিল বলে তার সভ্যতা এক অপূর্ব স্বতন্ত্র উপাদানে গঠিত হয়েছিল। এক কথায় বলতে হলে, সংযমই সেই সভ্যতার প্রাণস্বরূপ ছিল। ব্যক্তি এবং জাতি উভয়কেই ভারত সংযমের সাহায্যে নিজ নিজ জীবন নিয়ন্ত্রণ করতে শিক্ষা দিত। ত্যাগের জন্য ভোগের গ্রহণ এবং পরজীবনের জন্য এই জীবনের শিক্ষা—এ কথা সকলকে সর্বাবস্থায় স্মরণ করিয়ে ব্যক্তি ও জাতির ব্যবহারিক জীবন সে সর্বদা উচ্চতম লক্ষ্যের দিকে পরিচালিত করত। সেজন্যই তার বর্ণ বা জাতিবিভাগ এতকাল পর্যন্ত কোনো শ্রেণির স্বার্থে আঘাত করে তাদের বিষম অসন্তোষের কারণ হয়নি। কারণ, সমাজের যে শ্রেণি বা স্তরে মানুষ জন্মগ্রহণ করেছে, সেই স্তরের কর্তব্য নিষ্কামভাবে করতে পারলেই সে যখন অন্যের সঙ্গে সমানভাবে মানব-জীবনের মুখ্য উদ্দেশ্য জ্ঞান ও মুক্তির অধিকারী হবে, তখন তার অসন্তোষের কারণ আর কী হতে পারে? শ্রেণিবিশেষের ভোগসুখের তারতম্য নিয়ে পাশ্চাত্যসমাজের মতো ভারতের সমাজে প্রাচীনকালে যে বিরোধ বাধেনি, তার কারণ—জীবনের উচ্চতম লক্ষ্যে সমাজের প্রত্যেক ব্যক্তির সমানাধিকার ছিল। প্রাচীন ভারতের জাতীয় জীবন সম্বন্ধে এই কথাগুলি স্মরণে রেখে দেখা যাক, পাশ্চাত্য-সংসর্গে তার জীবনে এখন কেমন সব পরিবর্তন এসেছে।
পাশ্চাত্যের ভারতাধিকার ও তার ফল
পাশ্চাত্যের ভারতাধিকারের দিন থেকে ভারতের জাতীয় ধনবিভাগপ্রণালীতে যে একটা বিশেষ পরিবর্তন আসবে, এটা স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী। কিন্তু ভারতের জাতীয় জীবনের শুধু ওই ভাগ পরিবর্তন করেই পাশ্চাত্যপ্রভাব থেমে থাকেনি। প্রাচীনকাল থেকে যেসব মূল সংস্কার নিয়ে ভারত-ভারতী ব্যক্তিগত ও জাতিগত জীবন পরিচালনা করছিল, সেগুলির মধ্যে ওই প্রভাব এক অপূর্ব ভাবপরিবর্তন আনল। পাশ্চাত্য বোঝাল, ত্যাগের জন্য ভোগ—এ কথা পুরোহিতকুলের স্বার্থসিদ্ধির জন্য উদ্ভূত হয়েছে। পরজীবন ও আত্মার অস্তিত্ব স্বীকার করা এক প্রকাণ্ড কবিকল্পনা; সমাজের যে স্তরে মানুষ জন্মগ্রহণ করেছে, সেই স্তরেই সে আমরণ নিবদ্ধ থাকবে—এর চেয়ে অযুক্তিকর, অন্যায় নিয়ম আর কী হতে পারে? ভারতও ক্রমে তা-ই বুঝল এবং ত্যাগ ও সংযম-প্রধান আগেকার জীবন-লক্ষ্য পরিত্যাগ করে আরও ভোগলাভের জন্য ব্যগ্র হয়ে উঠল। এমনি করে তার মধ্যে আগেকার শিক্ষাদীক্ষা লোপ পেল এবং নাস্তিক্য, পরানুকরণপ্রিয়তা ও আত্মবিশ্বাসহীনতা দেখা দিয়ে তাকে মেরুদণ্ডহীন প্রাণীর তুল্য নিতান্ত নির্বীর্য করে তুলল। ভারত বুঝল, সে এতকাল ধরে যা হৃদয়ে বহন করে যত্নে পালন করেছে, তা নিতান্ত ভ্রমসংকুল; বিজ্ঞানবলে বলীয়ান পাশ্চাত্য তার সংস্কারগুলিকে অমার্জিত ও অর্ধবর্বর বলে যেমন অভিহিত করছে, তা-ই বোধ হয় সত্য। ভোগলালসামুগ্ধ ভারত নিজের পূর্বেতিহাস ও পূর্বগৌরব বিস্মৃত হল। স্মৃতিভ্রংশ থেকে তার বুদ্ধিনাশ হল এবং সেই বুদ্ধিনাশ তার জাতীয় অস্তিত্বের বিলোপ ঘটাবার উপক্রম করল। আবার ঐহিক ভোগলাভের জন্য তখন থেকে তাকে পরমুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছিল বলে সেই ভোগলাভও তার ভাগ্যে দূরপরাহত হল। এভাবে যোগ ও ভোগ উভয় মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সে পরানুকরণ করে কর্ণধারশূন্য তরণীর মতো বাসনাবাত্যার মুখে যথেচ্ছ ভেসে বেড়াতে লাগল।
পাশ্চাত্যভাবের সাহায্যে নির্জীব ভারতকে সজীব করার চেষ্টা ও তার ফল
তখন চারদিক থেকে রব উঠল, ভারতের জাতীয় জীবন কোনোকালেই ছিল না। পাশ্চাত্যের কৃপায় এতদিনে তার সেই জীবনের উন্মেষ হচ্ছে, কিন্তু সে জীবনের পূর্ণবিকাশের পথে এখনও অনেক অন্তরায় বিদ্যমান। ওই যে তার দুর্নিবার্য ধর্মসংস্কার, ওটাই তার সর্বনাশ করেছে। ওই যে অসংখ্য দেবদেবীর পূজা—ওই পৌত্তলিকতাই তাকে এতদিন উঠতে দেয়নি। ওর বিনাশ করো, উচ্ছেদ করো, তবেই ভারত-ভারতী সজীব হয়ে উঠবে। ঈশাহি ধর্ম এবং তার অনুকরণে একেশ্বরবাদ প্রচারিত হতে লাগল। পাশ্চাত্যানুকরণে সভা-সমিতি গঠন করে প্রাণহীন ভারতকে রাজনীতি, সমাজতত্ত্ব, বিধবাবিবাহ ও স্ত্রী-স্বাধীনতার উপকারিতা প্রভৃতি নানা কথা শোনানো হল—কিন্তু তার অভাববোধ ও হাহাকার না থেমে প্রতিদিন বাড়তে লাগল। রেলওয়ে, টেলিগ্রাফ, পাশ্চাত্য সভ্যতার যত কিছু সাজসরঞ্জাম একে একে ভারতে আনা হল, কিন্তু বৃথা চেষ্টা—যে ভাবপ্রেরণায় ভারত সজীব ছিল, তার অনুসন্ধান এবং পুনঃপ্রবর্তনের চেষ্টা এসবের মধ্যে কিছুমাত্র হল না। ওষুধ যথাস্থানে প্রয়োগ করা হল না, রোগের উপশম হবে কেমন করে? ধর্মপ্রাণ ভারতের ধর্ম সজীব না হলে সে সজীব হবে কেমন করে? পাশ্চাত্যের ভাবপ্রসারে তার মধ্যে যে ধর্মগ্লানি দেখা দিয়েছে, নাস্তিক পাশ্চাত্যের তা দূর করার সামর্থ্য কোথায়? স্বয়ং অসিদ্ধ হয়ে পাশ্চাত্য অপরকে সিদ্ধ করবে কেমন করে?
ভারতের প্রাচীন জাতীয় জীবনের দোষগুণ-বিচার
পাশ্চাত্যাধিকারের আগে ভারতের জাতীয় জীবনে যে কিছুমাত্র দোষ ছিল না, এ কথা বলা যায় না। কিন্তু জাতীয় শরীর সজীব থাকায় সেই দোষনিবারণের স্বতঃপ্রবৃত্ত চেষ্টাও তাতে সর্বদা দেখা যেত। জাতি এবং সমাজের ভিতর এখন সেই চেষ্টার বিলোপ দেখে বুঝতে হবে, পাশ্চাত্যভাব-প্রসাররূপ ওষুধ-প্রয়োগ রোগের সঙ্গে রোগীকেও সরাতে বসেছে!
পাশ্চাত্যভাব-বিস্তারে ভারতের বর্তমান ধর্মগ্লানি
অতএব দেখা যাচ্ছে, পাশ্চাত্যের ধর্মগ্লানি ভারতেও অধিকার বিস্তার করেছে। বাস্তবিক সেই গ্লানি বর্তমানকালে পৃথিবীর সর্বত্র কতটা প্রবল হয়েছে, তা ভাবলে স্তম্ভিত হতে হয়। ধর্ম বলে যদি কোনো বাস্তব পদার্থ থাকে এবং বিধাতার নির্দেশে তা লাভ করা যদি মানুষের সাধ্যায়ত্ত হয়, তাহলে বর্তমান যুগের ভোগপরায়ণ মানবজীবন যে তার থেকে বহুদূরে বিচ্যুত হয়ে পড়েছে, তাতে সন্দেহ নেই। বিজ্ঞানের সাহায্যে মানুষের বর্তমান জীবন-প্রসার তাকে বিচিত্র ভোগসাধন লাভ করতে সমর্থ করলেও, শান্তির অধিকারী যে করতে পারছে না, তা এইজন্যই। কে এর প্রতিকার করবে? পৃথিবীর এই অশান্তি ও হাহাকার কার প্রাণে নিরন্তর ধ্বনিত হয়ে তাকে সর্বভোগসাধন উপেক্ষা করে যুগোপযোগী নতুন ধর্মপথ আবিষ্কার করতে প্রবৃত্ত করবে? প্রাচ্য ও পাশ্চাত্যের ধর্মগ্লানি দূর করে শান্তিময় নতুন পথে জীবন পরিচালিত করতে মানবকে পুনরায় কে শিক্ষা দেবে?
সেই গ্লানি-নিবারণের জন্য ঈশ্বরের পুনরায় অবতীর্ণ হওয়া
গীতামুখে শ্রীভগবান প্রতিজ্ঞা করেছেন, জগতে ধর্মগ্লানি উপস্থিত হলেই তিনি নিজ মায়াশক্তি অবলম্বন করে শরীরধারিরূপে প্রকাশিত হবেন এবং সেই গ্লানি দূর করে পুনরায় মানবকে শান্তির অধিকারী করবেন। বর্তমান যুগ-প্রয়োজন কি তাঁর করুণায় বিষম আলোড়ন তুলবে না? বর্তমান অভাববোধ ও অশান্তি কি তাঁকে শরীরপরিগ্রহ করতে প্রবৃত্ত করবে না?
হে পাঠক! যুগ-প্রয়োজন সেই কার্য সম্পন্ন করেছে—শ্রীভগবান জগদ্গুরুরূপে সত্য সত্যই পুনরায় আবির্ভূত হয়েছেন। আশ্বস্তহৃদয়ে শ্রবণ করো, তাঁর পূত আশীর্বাণী—“যত মত তত পথ”, “সর্বান্তঃকরণে যা-ই অনুষ্ঠান করবে, তা থেকেই তুমি শ্রীভগবানকে লাভ করবে।” মুগ্ধ হয়ে মনন করো—পরাবিদ্যা ফিরিয়ে আনার জন্য তাঁর অলৌকিক ত্যাগ ও তপস্যা! —এবং তাঁর কামগন্ধহীন পুণ্যচরিত্রের যথাসাধ্য আলোচনা ও ধ্যান করে, এসো, আমরা উভয়ে পবিত্র হই।
দরিদ্রগৃহে ঈশ্বরের অবতীর্ণ হওয়ার কারণ
দেখা যায়, ঈশ্বরাবতার বলে যে-সকল মহাপুরুষ জগতে আজও পূজিত হচ্ছেন, শ্রীভগবান রামচন্দ্র ও শাক্যসিংহের কথা ছেড়ে দিলে, তাঁদের সকলেরই পার্থিব জীবন দুঃখ-দারিদ্র্য, সংসারের অসচ্ছলতা এবং এমনকি কঠোরতার ভিতর আরম্ভ হয়েছে। যেমন—শ্রীভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়রাজকুল অলংকৃত করলেও তাঁর জন্ম হয়েছিল কারাগৃহে এবং আত্মীয়-স্বজন থেকে দূরে, নীচ গোপকুলের মধ্যে বাল্যজীবন কেটেছিল; শ্রীভগবান ঈশা পান্থশালায় পশুরক্ষাগৃহে দরিদ্র পিতামাতার কোল উজ্জ্বল করেছিলেন; শ্রীভগবান শঙ্কর দরিদ্র বিধবার পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন; শ্রীভগবান শ্রীকৃষ্ণচৈতন্য নগণ্য সাধারণ ব্যক্তির গৃহে জন্মপরিগ্রহ করেছিলেন; ইসলামধর্ম-প্রবর্তক শ্রীমৎ মহম্মদের জীবনেও এ কথার পরিচয় পাওয়া যায়। তা হলেও কিন্তু যে দুঃখ-দারিদ্র্যের ভিতর সন্তোষের সরসতা নেই, যে অসচ্ছল সংসারে নিঃস্বার্থতা ও প্রেম নেই, যে দরিদ্র পিতামাতার হৃদয়ে ত্যাগ, পবিত্রতা ও কঠোর মনুষ্যত্বের সঙ্গে কোমল দয়াদাক্ষিণ্যাদি ভাবসমূহের মধুর সামঞ্জস্য নেই, সেখানে তাঁরা কখনও জন্মগ্রহণ করেননি।
ভেবে দেখলে, এই বিধানের সঙ্গে তাঁদের ভাবী জীবনের একটা গূঢ় সম্বন্ধ লক্ষ করা যায়। কারণ, যৌবনে ও প্রৌঢ় বয়সে সমাজের দুঃখী, দরিদ্র এবং অত্যাচারিতদের নয়নাশ্রু মুছিয়ে হৃদয়ে শান্তি দিতে হবে যাঁদের, তাঁরা ওই সব মানুষের অবস্থার সঙ্গে আগে থেকে পরিচিত ও তাদের প্রতি সহানুভূতিসম্পন্ন না হলে সে কাজ করবেন কেমন করে? শুধু তাই নয়। আমরা ইতিপূর্বে দেখেছি, সংসারে ধর্মগ্লানি-নিবারণের জন্যই অবতারপুরুষদের অভ্যুদয় হয়। এই কাজ সম্পন্ন করার জন্য পূর্বপ্রচারিত ধর্মবিধানগুলির যথার্থ অবস্থার সঙ্গে তাঁদের প্রথমেই পরিচিত হতে হয় এবং সেই সব প্রাচীন বিধানের বর্তমান গ্লানির কারণ আলোচনা করে সেগুলির পূর্ণতা ও সাফল্যস্বরূপ দেশকালোপযোগী নতুন বিধান আবিষ্কার করতে হয়। এই পরিচয়লাভের বিশেষ সুযোগ দেয় দরিদ্রের কুটিরই, ধনীর প্রাসাদ কখনও দেয় না। কারণ, সংসারের সুখভোগ থেকে বঞ্চিত দরিদ্র ব্যক্তিই ঈশ্বর এবং তাঁর বিধানকে জীবনের প্রধান অবলম্বনরূপে সর্বদা দৃঢ় আলিঙ্গনে ধরে থাকে। অতএব সর্বত্র ধর্মগ্লানি দেখা দিলেও পূর্ব পূর্ব বিধানের যথার্থ কিছু আভাস দরিদ্রের কুটিরকে তখনও উজ্জ্বল করে রাখে; এবং সেজন্যই বোধ হয়, জগদ্গুরু মহাপুরুষেরা জন্মপরিগ্রহের সময় দরিদ্র পরিবারের প্রতিই আকৃষ্ট হন।
যে মহাপুরুষের কথা আমরা বলতে বসেছি, তাঁর জীবনারম্ভও এই নিয়ম অতিক্রম করেনি।
শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুর
হুগলি জেলার উত্তর-পশ্চিমাংশ যেখানে বাঁকুড়া ও মেদিনীপুর দুই জেলার সঙ্গে মিলেছে, সেই সন্ধিস্থলের অনতিদূরে তিনখানি গ্রাম ত্রিকোণমণ্ডলে পরস্পরের কাছাকাছি অবস্থিত। গ্রামবাসীদের কাছে এই তিনটি গ্রাম শ্রীপুর, কামারপুকুর ও মুকুন্দপুর—এই ভিন্ন ভিন্ন নামে পরিচিত হলেও এগুলি এত ঘন সন্নিবেশে অবস্থিত যে, পথিকের কাছে একই গ্রামের বিভিন্ন পাড়া বলে মনে হয়। সেজন্য চারপাশের গ্রামে এগুলি একমাত্র কামারপুকুর নামেই প্রসিদ্ধি লাভ করেছে। স্থানীয় জমিদারেরা বহুকাল সেই গ্রামে বাস করতেন বলেই বোধ হয় কামারপুকুরের এই সৌভাগ্য ঘটেছিল। আমরা যে সময়ের কথা বলছি, সেই সময়ে কামারপুকুর শ্রীযুক্ত বর্ধমান মহারাজের গুরুবংশীয়দের লাখরাজ জমিদারিভুক্ত ছিল এবং তাঁদের বংশধর শ্রীযুক্ত গোপীলাল, সুখলাল প্রভৃতি গোস্বামীরা[1] ওই গ্রামে বাস করতেন।
কামারপুকুর থেকে বর্ধমান শহর প্রায় বত্রিশ মাইল উত্তরে অবস্থিত। সেই শহর থেকে কামারপুকুর পর্যন্ত বরাবর পাকা রাস্তা আছে। কামারপুকুরে এসেই এ রাস্তার শেষ হয়নি; গ্রামটিকে অর্ধবেষ্টন করে রাস্তাটি দক্ষিণ-পশ্চিম দিকে ৺পুরীধাম পর্যন্ত চলে গিয়েছে। পাদচারী দরিদ্র যাত্রী এবং বৈরাগ্যবান সাধুদের অনেকে এই পথ দিয়ে শ্রীশ্রীজগন্নাথদর্শনে যাতায়াত করেন।
কামারপুকুরের প্রায় ৯।১০ ক্রোশ পূর্বে ৺তারকেশ্বর মহাদেবের প্রসিদ্ধ মন্দির অবস্থিত। সেখান থেকে দ্বারকেশ্বর নদের তীরবর্তী জাহানাবাদ বা আরামবাগের মধ্য দিয়ে কামারপুকুরে আসার একটি পথ আছে। তা ছাড়া এই গ্রামের প্রায় নয় ক্রোশ দক্ষিণের ঘাটাল থেকে এবং প্রায় তেরো ক্রোশ পশ্চিমের বন-বিষ্ণুপুর থেকেও এখানে আসার প্রশস্ত পথ আছে।
কামারপুকুর অঞ্চলের পূর্ব-সমৃদ্ধি ও বর্তমান অবস্থা
১৮৬৭ খ্রিস্টাব্দে ম্যালেরিয়াপ্রসূত মহামারী দেখা দেওয়ার আগে কৃষিপ্রধান বঙ্গের পল্লিগ্রামে কী অপূর্ব শান্তির ছায়া বিরাজ করত, তা বলার নয়। বিশেষত, হুগলি জেলার এই গ্রামাঞ্চলের বিস্তীর্ণ ধানের প্রান্তরের মাঝে ছোট ছোট গ্রামগুলিকে বিশাল হরিৎসাগরে ভাসমান দ্বীপপুঞ্জের মতো মনে হত। জমির উর্বরতায় খাবারদাবারের অভাব না থাকায় এবং নির্মল বায়ুতে নিত্য পরিশ্রমের ফলে গ্রামবাসীদের দেহে স্বাস্থ্য ও সবলতা এবং মনে প্রীতি ও সন্তোষ সর্বদা দেখা যেত। বহুজনাকীর্ণ গ্রামে লোকে আবার কৃষি ছাড়া ছোটখাটো নানারকম শিল্পব্যবসাও করত। যেমন, উৎকৃষ্ট জিলাপি, মিঠাই ও নবাত তৈরির জন্য কামারপুকুর এই অঞ্চলে চিরপ্রসিদ্ধ এবং আবলুস কাঠের হুঁকোর নল বানিয়ে এই গ্রাম কলিকাতার সঙ্গে কারবারে এখনও বেশ দু’পয়সা রোজগার করে। সুতো, গামছা ও কাপড় তৈরির জন্য এবং অন্য নানা শিল্পকাজেও কামারপুকুর এককালে প্রসিদ্ধ ছিল। বিষ্ণু চাপড়ি প্রমুখ কয়েকজন বিখ্যাত কাপড়ের ব্যবসায়ী তখন এই গ্রামে বাস করে কলিকাতার সঙ্গে অনেক টাকার কারবার করতেন। প্রতি শনি ও মঙ্গলবারে গ্রামে এখনও হাট বসে। তারাহাট, বদনগঞ্জ, সিহড়, দেশড়া প্রভৃতি চারপাশের গ্রাম থেকে লোকে সুতো, কাপড়, গামছা, হাঁড়ি, কলসি, কুলো, চেঙ্গারি, মাদুর, চেটাই প্রভৃতি সংসারের নিত্যব্যবহার্য পণ্য ও খেতের ফসল হাটবারে কামারপুকুরে এনে নিজেদের মধ্যে কেনাবেচা করে। গ্রামে আনন্দোৎসবের অভাব এখনও দেখা যায় না। চৈত্রমাসে মনসাপূজা ও শিবের গাজনে এবং বৈশাখ বা জ্যৈষ্ঠে চব্বিশপ্রহরীয় হরিবাসরে কামারপুকুর মুখরিত হয়ে ওঠে। তা ছাড়া জমিদারবাড়িতে বারো মাস সবরকম পালপার্বণ এবং প্রতিষ্ঠিত দেবালয়গুলিতে নিত্যপূজা ও পার্বণাদি হয়ে থাকে। অবশ্য দারিদ্র্যজনিত অভাবে এখন এসবের অনেকখানিই লোপ পেয়েছে।
ওই অঞ্চলে ৺ধর্মঠাকুরের পূজা
৺ধর্মঠাকুরের পূজায়ও এখানে এককালে বিশেষ আড়ম্বর ছিল। কিন্তু এখন আর সেই কাল নেই; বৌদ্ধ ত্রিরত্নের অন্যতম শ্রীধর্ম এখন কূর্মমূর্তিতে পরিণত হয়ে এখানে এবং চারপাশের গ্রামে সামান্য পূজাটুকুই পেয়ে থাকেন। ব্রাহ্মণদেরও সময়ে সময়ে এই মূর্তির পূজা করতে দেখা যায়। এই ধর্মঠাকুরের ভিন্ন ভিন্ন নাম বিভিন্ন গ্রামে শুনতে পাওয়া যায়। যেমন, কামারপুকুরের ধর্মঠাকুরের নাম—‘রাজাধিরাজ ধর্ম’; শ্রীপুরে প্রতিষ্ঠিত সেই ঠাকুরের নাম—‘যাত্রাসিদ্ধিরায় ধর্ম’ এবং মুকুন্দপুরের কাছেই মধুবাটী নামের গ্রামে প্রতিষ্ঠিত ধর্মের নাম—‘সন্ন্যাসীরায় ধর্ম’। কামারপুকুরে প্রতিষ্ঠিত ধর্মের রথযাত্রাও এককালে মহাসমারোহে হত। নবচূড়াসমন্বিত সুদীর্ঘ রথখানি তখন তাঁর মন্দিরের পাশে নিত্য চোখে পড়ত। ভেঙে যাওয়ার পরে সে রথ আর তৈরি হয়নি। ধর্মমন্দিরটিও সংস্কারের অভাবে ভূমিসাৎ হতে বসেছে দেখে ধর্মপণ্ডিত যজ্ঞেশ্বর ঠাকুরকে এখন তাঁর নিজের বাড়িতে সরিয়ে নিয়ে গেছেন।
হালদারপুকুর, ভূতির খাল, আম্রকানন প্রভৃতির কথা
ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, সদ্গোপ, কামার, কুমার, জেলে, ডোম প্রভৃতি উচ্চনীচ সবরকম জাতিরই কামারপুকুরে বসতি আছে। গ্রামে তিন-চারটি বড় পুকুর আছে। তার মধ্যে হালদারপুকুরই সবচেয়ে বড়। তা ছাড়া ছোট পুকুর অনেক আছে। সেগুলির কোনো কোনোটি আবার শতদল কমল, কুমুদ ও কহ্লারশ্রেণী বুকে ধরে অপূর্ব শোভা বিস্তার করে। গ্রামে ইটের বাড়ি ও সমাধির অভাব নেই। আগে সেগুলির সংখ্যা অনেক বেশি ছিল। রামানন্দ শাঁখারীর ভাঙা দেউল, ফকির দত্তের জীর্ণ রাসমঞ্চ, জঙ্গলাকীর্ণ ইটের স্তূপ এবং পরিত্যক্ত দেবালয়গুলি নানা জায়গায় রয়ে গেছে, আর সেগুলিই এ কথারও, গ্রামের পূর্বসমৃদ্ধিরও পরিচয় দিচ্ছে। গ্রামের ঈশান ও বায়ুকোণে ‘বুধুই মোড়ল’ ও ‘ভূতীর খাল’ নামে দুটি শ্মশান রয়েছে। শেষের জায়গাটির পশ্চিমে রয়েছে গোচর-প্রান্তর, মানিকরাজা-প্রতিষ্ঠিত সর্বসাধারণের উপভোগ্য আম্রকানন এবং আমোদর নদ। ভূতীর খাল দক্ষিণে বয়ে গিয়ে গ্রামের অনতিদূরে সেই নদের সঙ্গে মিলেছে।
ভূরসুবোর মানিকরাজা
কামারপুকুরের আধ ক্রোশ উত্তরে ভূরসুবো নামে একটি গ্রাম। শ্রীযুক্ত মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে এক বিশেষ ধনাঢ্য ব্যক্তি সেখানে বাস করতেন। চারপাশের গ্রামে ইনি ‘মানিকরাজা’ নামে পরিচিত ছিলেন। ওই আম্রকানন ছাড়া ‘সুখসায়ের’, ‘হাতিসায়ের’ প্রভৃতি বৃহৎ দিঘি এখনও এঁর কীর্তি ঘোষণা করছে। শোনা যায়, এঁর বাড়িতে লক্ষ ব্রাহ্মণ অনেকবার নিমন্ত্রিত হয়ে ভোজন করেছিলেন।
গড় মান্দারণ
কামারপুকুরের দক্ষিণ-পূর্ব বা অগ্নিকোণে মান্দারণ গ্রাম। চারপাশের গ্রামগুলিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য আগে কোনো এক সময়ে এখানে একটি দুর্ভেদ্য দুর্গ প্রতিষ্ঠিত ছিল। পার্শ্ববর্তী ক্ষুদ্রকায় আমোদর নদের গতি কৌশলে পরিবর্তন করে তাকে সেই গড়ের পরিখায় পরিণত করা হয়েছিল।
উচালনের দিঘি ও মোগলমারির যুদ্ধক্ষেত্র
মান্দারণ দুর্গের ভাঙা তোরণ, স্তূপ ও পরিখা এবং তার অনতিদূরে শৈলেশ্বর মহাদেবের মন্দির এখনও রয়ে গেছে, আর সেগুলিই পাঠানদের রাজত্বকালে এসব জায়গার প্রসিদ্ধির পরিচয় দিচ্ছে। গড় মান্দারণের পাশ দিয়েই বর্ধমানে যাতায়াতের ওই পথটি চলে গেছে। সেই পথের দু’ধারে অনেকগুলি বড় দিঘি চোখে পড়ে। তার মধ্যে সবচেয়ে বড়টি এই গড় থেকে প্রায় নয় ক্রোশ উত্তরে, উচালন নামের জায়গায়। এই পথের এক জায়গায় একটি ভাঙা হাতিশালাও দেখা যায়। এসব দেখে বোঝা যায়, যুদ্ধবিগ্রহের সুবিধার জন্যই এই পথ নির্মিত হয়েছিল। মোগলমারির প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র যে এই পথেই পড়ে, তাও এ কথার সাক্ষ্য দিচ্ছে।
দেরে গ্রামের জমিদার রামানন্দ রায়ের কথা
কামারপুকুরের পশ্চিমে প্রায় এক ক্রোশ দূরে সাতবেড়ে, নারায়ণপুর ও দেরে নামে তিনখানি গ্রাম পাশাপাশি অবস্থিত। এই গ্রামগুলি এককালে সমৃদ্ধ ছিল। দেরের দিঘি ও তার পার্শ্ববর্তী দেবালয় এবং আরও নানা কিছু দেখে এ কথা অনুমান করা যায়। আমরা যে সময়ের কথা বলছি, সেই সময়ে এই তিন গ্রাম ভিন্ন এক জমিদারির অন্তর্ভুক্ত ছিল এবং তার জমিদার রামানন্দ রায় সাতবেড়ে গ্রামে বাস করতেন। এই জমিদার বিশেষ ধনাঢ্য না হলেও বিষম প্রজাপীড়ক ছিলেন। কোনো কারণে কারও উপর কুপিত হলে, ইনি সেই প্রজাকে সর্বস্বান্ত করতে কিছুমাত্র কুণ্ঠিত হতেন না। এঁর ছেলেমেয়েদের মধ্যে কেউই বেঁচে ছিল না। লোকে বলে, প্রজাপীড়নের অপরাধেই ইনি নির্বংশ হয়েছিলেন এবং মৃত্যুর পরে এঁর বিষয়-সম্পত্তি অপরের হস্তগত হয়েছিল।
দেরে গ্রামের মানিকরাম চট্টোপাধ্যায়
প্রায় দেড়শো বছর আগে দেরে গ্রামে মধ্যবিত্ত অবস্থার ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণপরিবার বাস করতেন। এঁরা সদাচারী, কুলীন এবং শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। এঁদের প্রতিষ্ঠিত শিবালয়সমন্বিত পুকুর ‘চাটুয্যে পুকুর’ নামে খ্যাত হয়ে এখনও এঁদের পরিচয় দিচ্ছে। এই বংশের শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায়ের তিন পুত্র এবং এক কন্যা হয়েছিল। তাঁদের মধ্যে জ্যেষ্ঠ ক্ষুদিরাম সম্ভবত সন ১১৮১ সালে জন্মগ্রহণ করেছিলেন। তারপর রামশীলা নামে এক কন্যার এবং নিধিরাম ও কানাইরাম নামে দুই পুত্রের জন্ম হয়েছিল।
তাঁর পুত্র ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা
শ্রীযুক্ত ক্ষুদিরাম বড় হয়ে অর্থকরী কোনোরকম বিদ্যায় পারদর্শিতা লাভ করেছিলেন কি না জানা যায় না। কিন্তু সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ প্রভৃতি যে গুণসমূহ সদ্ব্রাহ্মণের স্বভাবসিদ্ধ হওয়া উচিত বলে শাস্ত্রে নির্দিষ্ট আছে, বিধাতা তাঁকে সেই সব গুণ প্রচুর পরিমাণে প্রদান করেছিলেন। তিনি ছিলেন দীর্ঘ ও সবল, কিন্তু স্থূলকায় নন; গৌরবর্ণ ও প্রিয়দর্শন। শ্রীরামচন্দ্রে বংশানুগত ভক্তি তাঁর মধ্যে বিশেষভাবে প্রকাশ পেত এবং তিনি নিত্যকৃত্য সন্ধ্যাবন্দনাদি সমাপন করে প্রতিদিন ফুল তুলে ৺রঘুবীরের পূজার পর জলগ্রহণ করতেন। শূদ্রের কাছ থেকে দানগ্রহণ দূরে থাকুক, শূদ্রযাজী ব্রাহ্মণের নিমন্ত্রণ তিনি কখনও গ্রহণ করেননি এবং যে-সব ব্রাহ্মণ পণ নিয়ে কন্যাসম্প্রদান করত, তাদের হাতের জল পর্যন্ত গ্রহণ করতেন না। এমন নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীরা তাঁকে বিশেষ ভক্তি ও সম্মানের চোখে দেখত।
ক্ষুদিরাম-গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবী
পিতার মৃত্যুর পরে সংসার ও বিষয়সম্পত্তির তত্ত্বাবধানের ভার শ্রীযুক্ত ক্ষুদিরামের কাঁধেই পড়েছিল এবং ধর্মপথে অবিচলিত থেকে তিনি সেই সব কাজ যথাসাধ্য করে যাচ্ছিলেন। আগেই বিয়ে করে তিনি সংসারে প্রবেশ করেছিলেন, কিন্তু তাঁর পত্নী অল্প বয়সেই মারা যান। সুতরাং আন্দাজ পঁচিশ বছর বয়সে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। তাঁর এই পত্নীর নাম ছিল শ্রীমতী চন্দ্রমণি; কিন্তু বাড়িতে এঁকে সকলে ‘চন্দ্রা’ বলেই ডাকত। শ্রীমতী চন্দ্রাদেবীর পিত্রালয় ছিল সরাটিমায়াপুর নামের গ্রামে। তিনি সুরূপা, সরলা ও দেবদ্বিজপরায়ণা ছিলেন। কিন্তু হৃদয়ের অসীম শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসাকেই তাঁর বিশেষ গুণ বলা যেতে পারে এবং এই গুণগুলির জন্যই তিনি সংসারে সকলের প্রিয় হয়েছিলেন। সম্ভবত সন ১১৯৭ সালে শ্রীমতী চন্দ্রমণি জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং সন ১২০৫ সালে বিয়ের সময় তাঁর বয়স ছিল মাত্র আট বছর। সম্ভবত সন ১২১১ সালে তাঁর প্রথম পুত্র রামকুমারের জন্ম হয়। এর প্রায় পাঁচ বছর পরে শ্রীমতী কাত্যায়নী নামে এক কন্যার এবং সন ১২৩২ সালে দ্বিতীয় পুত্র রামেশ্বরের মুখ দেখে তিনি আনন্দিত হয়েছিলেন।
জমিদারের সঙ্গে বিবাদে ক্ষুদিরামের সর্বস্বান্ত হওয়া
ধর্মপথে থেকে সংসারযাত্রা নির্বাহ করা যে কতটা কঠিন কাজ, তা হৃদয়ঙ্গম করতে শ্রীযুক্ত ক্ষুদিরামের দেরি হয়নি। সম্ভবত তাঁর কন্যা কাত্যায়নীর জন্মের কিছুকাল পরে তিনি বিষম পরীক্ষায় পড়েছিলেন। গ্রামের জমিদার রামানন্দ রায়ের প্রজাপীড়নের কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। দেরেপুরের কোনো লোকের উপর অসন্তুষ্ট হয়ে তিনি এবার মিথ্যা অপবাদে আদালতে মোকদ্দমা দায়ের করলেন এবং বিশ্বস্ত সাক্ষীর প্রয়োজন দেখে শ্রীযুক্ত ক্ষুদিরামকে নিজের পক্ষে সাক্ষ্য দিতে অনুরোধ করলেন। ধর্মপরায়ণ ক্ষুদিরাম আইন-আদালতকে সর্বদা ভীতির চোখে দেখতেন এবং ঘটনা সত্য হলেও এর আগে কখনও কারও বিরুদ্ধে তার আশ্রয় নেননি। সুতরাং জমিদারের এই অনুরোধে নিজেকে বিশেষ বিপন্ন মনে করলেন। কিন্তু মিথ্যা সাক্ষ্য না দিলে জমিদারের বিষম কোপে পড়তে হবে, এ কথা স্থির জেনেও তিনি সে অনুরোধে কিছুতেই সম্মত হতে পারলেন না। অগত্যা এমন ক্ষেত্রে যা হয়ে থাকে, তাই হল; জমিদার তাঁর বিরুদ্ধেও মিথ্যা অপবাদ দিয়ে নালিশ রুজু করলেন এবং মোকদ্দমায় জিতে তাঁর সমস্ত পৈতৃক সম্পত্তি নিলাম করে নিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের দেরেপুরে থাকার বিন্দুমাত্র জায়গা রইল না। গ্রামবাসী সকলে তাঁর দুঃখে যথার্থই কাতর হলেও তাঁকে জমিদারের বিরুদ্ধে কোনো সাহায্যই করতে পারল না। এভাবে প্রায় চল্লিশ বছর বয়সে শ্রীযুক্ত ক্ষুদিরাম একেবারে নিঃস্ব হলেন।
ক্ষুদিরামের দেরে-গ্রাম পরিত্যাগ
পিতৃপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে ও নিজের উপার্জনের ফলে যে সম্পত্তি[2] তিনি এতকাল ধরে সঞ্চয় করেছিলেন, বায়ুতাড়িত ছিন্নাভ্রের মতো তা এখন কোথায় একেবারে বিলীন হয়ে গেল! কিন্তু এই ঘটনা তাঁকে ধর্মপথ থেকে বিন্দুমাত্র বিচলিত করতে পারল না। তিনি ৺রঘুবীরের শ্রীপাদপদ্মে একান্ত শরণ গ্রহণ করলেন এবং স্থিরচিত্তে নিজের কর্তব্য নির্ধারণ করে দুর্জনকে দূরে পরিহার করার জন্য পৈতৃক ভিটে ও গ্রাম থেকে চিরকালের মতো বিদায় নিলেন।
সুখলাল গোস্বামীর আমন্ত্রণে ক্ষুদিরামের কামারপুকুরে আগমন ও বাস
কামারপুকুরের শ্রীযুক্ত সুখলাল গোস্বামীজীর কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। দুজনে সমস্বভাবের মানুষ ছিলেন বলে শ্রীযুক্ত ক্ষুদিরামের সঙ্গে এঁর আগে থেকেই বিশেষ সৌহৃদ্য গড়ে উঠেছিল। বন্ধুর এমন বিপদের কথা শুনে তিনি বিশেষ বিচলিত হলেন এবং নিজের বাড়ির একাংশে কয়েকখানি চালাঘর চিরকালের জন্য ছেড়ে দিয়ে তাঁকে কামারপুকুরে এসে বাস করতে অনুরোধ করে পাঠালেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম এতে অকূলে কূল পেলেন এবং শ্রীভগবানের অচিন্ত্য লীলাতেই এই অনুরোধ এসেছে ভেবে কৃতজ্ঞহৃদয়ে কামারপুকুরে এসে সেই থেকে সেখানেই বাস করতে লাগলেন। বন্ধুপ্রাণ সুখলাল তা দেখে বিশেষ আনন্দিত হলেন এবং ধর্মপরায়ণ ক্ষুদিরামের সংসারযাত্রা নির্বাহের জন্য এক বিঘা দশ ছটাক ধানজমি তাঁকে চিরকালের জন্য দিলেন।
____________________________________________
[1] ৺হৃদয়রাম মুখোপাধ্যায় সুখলালের জায়গায় অনুপ গোস্বামীর নাম আমাদের বলেছিলেন; কিন্তু বোধ হয়, তা সমীচীন নয়। গ্রামের বর্তমান জমিদার লাহাবাবুদের কাছে শুনেছি, সেই গোস্বামীজীর নাম সুখলাল ছিল এবং এঁর পুত্র কৃষ্ণলাল গোস্বামীর কাছ থেকেই তাঁরা প্রায় পঞ্চাশ বছর আগে কামারপুকুরের অধিকাংশ জমি কিনে নিয়েছিলেন। আবার গ্রামে প্রবাদ আছে, ৺গোপেশ্বর নামের বৃহৎ শিবলিঙ্গ গোপীলাল গোস্বামী প্রতিষ্ঠা করেন। অতএব সেই গোপীলাল গোস্বামী সুখলালের কোনো পূর্বপুরুষ ছিলেন বলে অনুমান করা যায়। অথবা এমনও হতে পারে, সুখলালের অন্য নাম গোপীলাল ছিল।
[2] ৺হৃদয়রাম মুখোপাধ্যায়ের কাছে শুনেছি, দেরেপুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রায় দেড়শো বিঘা জমি ছিল।
কামারপুকুরে এসে ক্ষুদিরামের বানপ্রস্থের মতো জীবনযাপন করার কারণ
প্রায় দশ বছরের পুত্র রামকুমার ও চার বছরের কন্যা কাত্যায়নীকে সঙ্গে নিয়ে সস্ত্রীক ক্ষুদিরাম যেদিন কামারপুকুরে এসে পর্ণকুটিরে বাস করলেন, তাঁদের সেদিনকার মনোভাব বলবার নয়। ঈর্ষাদ্বেষপূর্ণ সংসার সেদিন তাঁদের কাছে অন্ধতমসাবৃত বিকট শ্মশানতুল্য; স্নেহ, ভালোবাসা, দয়া, ন্যায়পরতা প্রভৃতি সদ্গুণ সেখানে মধ্যে মধ্যে ক্ষীণ আলো বিস্তার করে হৃদয়ে সুখাশা জাগালেও, পরক্ষণেই তা কোথায় বিলীন হয়ে যায় এবং যে অন্ধকার সেই অন্ধকারই সেখানে বিরাজ করতে থাকে। পূর্বাবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করতে গিয়ে এমন নানা কথা যে তখন তাঁদের মনে জেগেছিল, তা বেশ বোঝা যায়। কারণ দুঃখ-দুর্দিনে পড়েই মানুষ সংসারের অসারতা ও অনিত্যতা সম্যক উপলব্ধি করে। অতএব শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রাণে এখন যে বৈরাগ্যের উদয় হবে, এতে বিচিত্র কিছুই নেই। আবার, সেই অযাচিত ও অপ্রত্যাশিতভাবে আশ্রয়লাভের কথা স্মরণ করে তাঁর ধর্মপ্রাণ অন্তর যে তখন ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্ভরতায় পূর্ণ হয়েছিল, তা আর বলতে হবে না। সুতরাং ৺রঘুবীরের হাতে পূর্ণভাবে আত্মসমর্পণ করে পুনরায় সংসারের উন্নতিসাধনে উদাসীন হয়ে তিনি যে এখন শ্রীভগবানের সেবাপূজায় দিন কাটাতে থাকবেন, এতে আশ্চর্যের কী আছে? বাস্তবিক, সংসারে থাকলেও তিনি তখন থেকে অসংসারী হয়ে প্রাচীন কালের বানপ্রস্থীদের মতো দিনযাপন করতে লাগলেন।
অদ্ভুত উপায়ে ক্ষুদিরামের ৺রঘুবীরশিলা-লাভ
এই সময়ের একটি ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মবিশ্বাস আরও গভীর রূপ নিয়েছিল। কাজের জন্য একদিন তাঁকে অন্য গ্রামে যেতে হয়েছিল। সেখান থেকে ফেরার সময় তিনি শ্রান্ত হয়ে পথের মধ্যে গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম নিলেন। জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর তাঁর চিন্তাভারাক্রান্ত মনে শান্তি দিল এবং নির্মল বায়ু ধীরে বয়ে তাঁর শরীর স্নিগ্ধ করতে লাগল। তাঁর শোবার ইচ্ছা প্রবল হয়ে উঠল এবং শুতে না শুতেই তিনি ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি স্বপ্নাবেশে দেখতে লাগলেন, তাঁর অভীষ্টদেব নবদূর্বাদল-শ্যাম-তনু ভগবান শ্রীরামচন্দ্র যেন দিব্য বালকবেশে তাঁর সামনে উপস্থিত হয়েছেন এবং একটি বিশেষ স্থান দেখিয়ে বলছেন, “আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার সেবা গ্রহণ করতে আমার একান্ত অভিলাষ হয়েছে।” এ কথা শুনে ক্ষুদিরাম একেবারে বিহ্বল হয়ে পড়লেন এবং তাঁকে বারংবার প্রণাম করে বলতে লাগলেন, “প্রভু, আমি ভক্তিহীন ও নিতান্ত দরিদ্র, আমার গৃহে আপনার যোগ্য সেবা কখনোই সম্ভব নয়, অধিকন্তু সেবাপরাধী হয়ে আমাকে নিরয়গামী হতে হবে, অতএব এমন অন্যায় অনুরোধ কেন করছেন?” বালক-বেশী শ্রীরামচন্দ্র তা শুনে প্রসন্নমুখে তাঁকে অভয় দিয়ে বললেন, “ভয় নেই, আমি তোমার ত্রুটি কখনও ধরব না, আমাকে নিয়ে চলো।” ক্ষুদিরাম শ্রীভগবানের এমন অযাচিত কৃপায় আর আত্মসংবরণ করতে পারলেন না, প্রাণের আবেগে কেঁদে উঠলেন। এমন সময়ে তাঁর ঘুম ভেঙে গেল।
জেগে উঠে শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাবতে লাগলেন—এ কী অদ্ভুত স্বপ্ন! হায়, হায়, কখনও কি তাঁর সত্যি সত্যি তেমন সৌভাগ্যের উদয় হবে? এই ভাবতে ভাবতে সহসা কাছের ধানখেতে তাঁর দৃষ্টি পড়ল এবং বুঝতে দেরি হল না, ওই স্থানটিই তিনি স্বপ্নে দেখেছিলেন। কৌতূহলপরবশ হয়ে তিনি তখন উঠলেন এবং সেখানে পৌঁছেই দেখতে পেলেন, একটি সুন্দর শালগ্রামশিলার উপরে এক ভুজঙ্গ ফণা বিস্তার করে রয়েছে! তখন শিলা হস্তগত করার প্রবল বাসনা তাঁর মনে জাগল এবং তিনি দ্রুত পায়ে সেই শিলার কাছে গিয়ে দেখলেন, ভুজঙ্গ অন্তর্হিত হয়েছে এবং তার গর্তের মুখে শালগ্রামটি পড়ে রয়েছে। স্বপ্ন অলীক নয়, এই ভেবে শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয় তখন বিষম উৎসাহে পূর্ণ হল এবং নিজেকে দেবাদিষ্ট মনে করে তিনি ভুজঙ্গদংশনের ভয় না রেখে ‘জয় রঘুবীর’ বলে চিৎকার করে শিলা গ্রহণ করলেন। তারপর শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম শিলার লক্ষণগুলি নিরীক্ষণ করে বুঝলেন, বাস্তবিকই সেটি ‘রঘুবীর’ নামের শিলা। তখন আনন্দে ও বিস্ময়ে অধীর হয়ে তিনি বাড়ি ফিরলেন এবং যথাশাস্ত্র সংস্কার-কার্য সম্পন্ন করে শিলাটিকে নিজ গৃহদেবতারূপে প্রতিষ্ঠা করলেন ও নিত্য পূজা করতে লাগলেন। ৺রঘুবীরকে এমন অদ্ভুত উপায়ে পাওয়ার আগে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজের অভীষ্টদেব শ্রীরামচন্দ্রের পূজা ছাড়াও, ঘট প্রতিষ্ঠা করে ৺শীতলাদেবীকে নিত্য পূজা করে আসছিলেন।
সাংসারিক কষ্টের মধ্যে ক্ষুদিরামের অবিচলতা ও ঈশ্বরনির্ভরতা
একের পর এক দুর্দিন চলে যেতে লাগল, ক্ষুদিরামও সবরকম দুঃখকষ্টে উদাসীন থেকে একমাত্র ধর্মকে দৃঢ়ভাবে আশ্রয় করে হৃষ্টচিত্তে দিন কাটাতে লাগলেন। সংসারে কোনো কোনো দিন একেবারে অন্নাভাব হয়েছে, পতিপ্রাণা চন্দ্রাদেবী ব্যাকুল হৃদয়ে সে কথা স্বামীকে নিবেদন করেছেন; শ্রীযুক্ত ক্ষুদিরাম কিন্তু তাতেও বিচলিত না হয়ে তাঁকে আশ্বাস দিয়ে বলেছেন, “ভয় কী, যদি ৺রঘুবীর উপবাসী থাকেন, তাহলে আমরাও তাঁর সঙ্গে উপবাসী থাকব।” সরলপ্রাণা চন্দ্রাদেবী তা শুনে স্বামীর মতো ৺রঘুবীরের উপর একান্ত নির্ভর করে গৃহকর্মে মন দিয়েছেন—খাবারের সংস্থানও সেদিন কোনোরকমে হয়ে গেছে।
লক্ষ্মীজলায় ধানখেতে
এমন একান্ত অন্নাভাব কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরামকে বেশি দিন ভোগ করতে হয়নি। তাঁর বন্ধু শ্রীযুক্ত সুখলাল গোস্বামী তাঁকে লক্ষ্মীজলা নামের জায়গায় যে এক বিঘা দশ ছটাক ধানজমি দিয়েছিলেন, ৺রঘুবীরের প্রসাদে তাতে তখন থেকে এত ধান হতে লাগল যে, সেই ধানে তাঁর ছোট সংসারের সারা বছরের অভাব তো মিটতই, কিছু কিছু উদ্বৃত্ত হয়ে অতিথি-অভ্যাগতের সেবাও চলে যেতে লাগল। কৃষাণদের পারিশ্রমিক দিয়ে শ্রীযুক্ত ক্ষুদিরাম সেই জমিতে চাষ করাতেন এবং জমি চষা হয়ে বোনার সময় এলে ৺রঘুবীরের নাম নিয়ে প্রথমে নিজে তাতে কয়েক গুচ্ছ ধান রোপণ করতেন, পরে কৃষকদের সে কাজ শেষ করতে বলতেন।
ক্ষুদিরামের ঈশ্বরভক্তির বৃদ্ধি ও দিব্যদর্শনলাভ। প্রতিবেশীদের তাঁর প্রতি শ্রদ্ধা
দিন, মাস পেরিয়ে ক্রমে দুই-তিন বছর কেটে গেল এবং ৺রঘুবীরের মুখ চেয়ে প্রায় আকাশবৃত্তি অবলম্বন করে থাকলেও শ্রীযুক্ত ক্ষুদিরামের সংসারে মোটা ভাত-কাপড়ের অভাব হল না। কিন্তু সেই দুই-তিন বছরের কঠোর শিক্ষার প্রভাবে তাঁর হৃদয়ে তখন যে শান্তি, সন্তোষ ও ঈশ্বরনির্ভরতা নিরন্তর প্রবাহিত হয়ে চলল, তা অল্প লোকের ভাগ্যেই ঘটে। অন্তর্মুখ অবস্থায় থাকা তাঁর মনের স্বভাব হয়ে উঠল এবং তার প্রভাবে তাঁর জীবনে নানা দিব্যদর্শন সময়ে সময়ে ঘটতে লাগল। প্রতিদিন প্রাতে ও সায়ংকালে সন্ধ্যা করতে বসে যখন তিনি ৺গায়ত্রীদেবীর ধ্যান আবৃত্তি করে তাঁর চিন্তায় মগ্ন হতেন, তখন তাঁর বক্ষঃস্থল রক্তবর্ণ হয়ে উঠত এবং মুদ্রিত নয়ন অবিরল প্রেমাশ্রু বর্ষণ করত। ভোরে যখন তিনি সাজি হাতে ফুল তুলতে যেতেন, তখন দেখতেন তাঁর আরাধ্যা ৺শীতলাদেবী যেন আট বছরের কন্যারূপিণী হয়ে রক্তবস্ত্র ও নানা অলংকার ধারণ করে হাসতে হাসতে তাঁর সঙ্গে যাচ্ছেন এবং পুষ্পিত গাছের শাখাগুলি নুইয়ে ধরে তাঁকে ফুল তুলতে সহায়তা করছেন! এইসব দিব্যদর্শনে তাঁর অন্তর তখন সর্বদা উল্লাসে পূর্ণ হয়ে থাকত এবং অন্তরের দৃঢ় বিশ্বাস ও ভক্তি বদনে প্রকাশিত হয়ে তাঁকে এক অপূর্ব দিব্যাবেশে নিরন্তর পরিবৃত করে রাখত। তাঁর সৌম্য শান্ত মুখ দেখে গ্রামবাসীরা তা প্রাণে প্রাণে অনুভব করে তাঁকে ক্রমে ঋষির মতো ভক্তি-শ্রদ্ধা করতে লাগল। তাঁকে আসতে দেখলে তারা বৃথালাপ থামিয়ে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে সম্ভাষণ করত; তাঁর স্নানের সময় সেই পুকুরে নামতে তারা সংকোচ বোধ করে সসম্ভ্রমে অপেক্ষা করত; তাঁর আশীর্বাণী নিশ্চিত ফল দেবে ভেবে তারা বিপদে সম্পদে তা পাওয়ার আশায় তাঁর কাছে আসত।
শ্রীমতী চন্দ্রাদেবীকে প্রতিবেশীরা যে চোখে দেখত
স্নেহ ও সরলতার মূর্তি শ্রীমতী চন্দ্রাদেবীও নিজের দয়া ও ভালোবাসায় তাদের মুগ্ধ করে তাদের মাতৃভক্তির যথার্থই অধিকারিণী হলেন। কারণ সম্পদে বা বিপদে তাঁর মতো হৃদয়ের সহানুভূতি তারা আর কোথাও পেত না। দরিদ্রেরা জানত, শ্রীমতী চন্দ্রাদেবীর কাছে তারা যখনই যাবে, শুধু যে এক মুঠো খেতে পাবে তা নয়, তার সঙ্গে এত অকৃত্রিম যত্ন ও ভালোবাসাও পাবে যে, তাদের অন্তর পরম পরিতৃপ্তিতে পূর্ণ হয়ে উঠবে। ভিক্ষুক সাধুরা জানত, এ বাড়ির দরজা তাদের জন্য সর্বদা খোলা আছে। প্রতিবেশী বালক-বালিকারা জানত, চন্দ্রাদেবীর কাছে তারা যা নিয়েই আবদার করুক না কেন, তা কোনো না কোনো উপায়ে পূর্ণ হবেই হবে। এভাবে প্রতিবেশীদের আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই শ্রীযুক্ত ক্ষুদিরামের পর্ণকুটিরে যখন-তখন এসে হাজির হত এবং দুঃখদারিদ্র্য থাকলেও সেই কুটির এক অপূর্ব শান্তির আলোয় নিরন্তর উদ্ভাসিত হয়ে থাকত।
ক্ষুদিরামের ভগিনী শ্রীমতী রামশীলার কথা
আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, শ্রীযুক্ত ক্ষুদিরামের রামশীলা নামে এক বোন এবং নিধিরাম ও কানাইরাম বা রামকানাই নামে দুই ছোট ভাই ছিলেন। দেরেপুরের জমিদারের সঙ্গে বিবাদ বেধে যখন তিনি সর্বস্বান্ত হলেন, তখন তাঁর সেই বোনের বয়স আন্দাজ পঁয়ত্রিশ বছর এবং ভাই দুজনের ত্রিশ ও পঁচিশ বছর হবে। তাঁরা সকলেই তখন বিবাহ করে সংসারে প্রবেশ করেছেন। কামারপুকুরের প্রায় ছয় ক্রোশ পশ্চিমে অবস্থিত ছিলিমপুরে ৺ভাগবত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রীমতী রামশীলার বিবাহ হয়েছিল এবং রামচাঁদ নামে এক পুত্র ও হেমাঙ্গিনী নামে এক কন্যা জন্মগ্রহণ করেছিল। সেই বিপদের সময় রামচাঁদের বয়স আন্দাজ একুশ বছর এবং হেমাঙ্গিনীর ষোলো বছর ছিল। শ্রীযুক্ত রামচাঁদ তখন মেদিনীপুরে মোক্তারি করতে আরম্ভ করেছিলেন। শ্রীমতী হেমাঙ্গিনীর দেরেপুরে মামাবাড়িতেই জন্ম হয়েছিল এবং ভাইয়ের চেয়েও তিনি মামাদের বেশি স্নেহ পেয়েছিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম এঁকে কন্যানির্বিশেষে পালন করে বিবাহের সময় হলে কামারপুকুরের প্রায় আড়াই ক্রোশ উত্তর-পশ্চিমে অবস্থিত শিহড় গ্রামের শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়কে স্বয়ং সম্প্রদান করেছিলেন। যৌবনে পদার্পণ করে শ্রীমতী হেমাঙ্গিনী ক্রমে রাঘব, রামরতন, হৃদয়রাম ও রাজারাম নামে চার পুত্রের জননী হয়েছিলেন।
ক্ষুদিরামের ভ্রাতৃদ্বয়ের কথা
শ্রীযুক্ত ক্ষুদিরামের ভাই নিধিরামের কোনো সন্তান হয়েছিল কি না, তা আমরা জানতে পারিনি; কিন্তু সর্বকনিষ্ঠ কানাইরামের রামতারক ওরফে হলধারী এবং কালিদাস নামে দুই পুত্র হয়েছিল। কানাইরাম ভক্তিমান ও ভাবুক ছিলেন। এক সময়ে কোনো জায়গায় ইনি যাত্রা শুনতে গিয়েছিলেন। শ্রীরামচন্দ্রের বনগমনের অভিনয় হচ্ছিল। তা শুনতে শুনতে তিনি এমন তন্ময় হয়ে গিয়েছিলেন যে, শ্রীরামচন্দ্রকে বনে পাঠাবার জন্য কৈকেয়ীর মন্ত্রণা ও চেষ্টাকে সত্য ভেবে সেই ভূমিকার অভিনেতাকে মারতে উদ্যত হয়েছিলেন। সে যা হোক, পৈতৃক সম্পত্তি হারানোর পরে নিধিরাম ও কানাইরাম দেরেপুর ছেড়ে সম্ভবত যে যার শ্বশুরবাড়ির গ্রামে আশ্রয় নিয়েছিলেন।
ক্ষুদিরামের ভাগনে রামচাঁদ
শ্রীমতী রামশীলার পুত্র শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরে মোক্তারি করার কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। পেশার সূত্রে ইনি ক্রমে মেদিনীপুরে বাস করে বেশ দু পয়সা উপার্জন করতে লাগলেন। তখন মামাদের দুরবস্থার কথা স্মরণ করে ইনি শ্রীযুক্ত ক্ষুদিরামকে মাসিক পনেরো টাকা এবং নিধিরাম ও কানাইরামের প্রত্যেককে মাসিক দশ টাকা করে সাহায্য করতে লাগলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম কিছুদিন ভাগনের খবর না পেলেই চিন্তিত হয়ে মেদিনীপুরে যেতেন এবং দু-চার দিন তাঁর বাড়িতে কাটিয়ে কামারপুকুরে ফিরে আসতেন। আমরা শুনেছি, একবার এভাবে মেদিনীপুরে যাওয়ার সময় তাঁর জীবনে একটি বিশেষ ঘটনা ঘটেছিল। ঘটনাটি শ্রীযুক্ত ক্ষুদিরামের আন্তরিক দেবভক্তির পরিচায়ক বলে আমরা এখানে তার উল্লেখ করলাম।
ক্ষুদিরামের দেবভক্তির পরিচায়ক ঘটনা
কামারপুকুরের প্রায় চল্লিশ মাইল দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর অবস্থিত। রামচাঁদ ও তাঁর পরিবারের লোকজনের কুশল-সংবাদ অনেক দিন না পাওয়ায় চিন্তিত হয়ে শ্রীযুক্ত ক্ষুদিরাম একদিন সেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলেন। তখন মাঘ বা ফাল্গুন মাস হবে। বেলগাছের পাতা এই সময় ঝরে পড়ে এবং যতদিন না নতুন পাতা গজায়, ততদিন ৺শিবপূজা করতে লোকের বিশেষ কষ্ট হয়। শ্রীযুক্ত ক্ষুদিরাম এই কষ্ট কিছুদিন আগে থেকে বিশেষভাবে অনুভব করছিলেন।
খুব ভোরে বেরিয়ে তিনি প্রায় দশটা পর্যন্ত অবিশ্রান্ত পথ চলে একটি গ্রামে পৌঁছলেন; সেখানকার বেলগাছগুলি নবীন পত্রাভরণে ভূষিত দেখে তাঁর প্রাণ উল্লসিত হয়ে উঠল। তখন মেদিনীপুর যাওয়ার কথা একেবারে ভুলে গিয়ে তিনি গ্রাম থেকে একটি নতুন ঝুড়ি ও একখানি গামছা কিনে কাছের পুকুরের জলে বেশ করে ধুয়ে নিলেন। পরে নবীন বিল্বপত্রে ঝুড়িটি ভরে ভিজে গামছাখানি তার উপর চাপা দিয়ে বিকেল প্রায় তিনটার সময় কামারপুকুরে এসে পৌঁছলেন। বাড়ি পৌঁছেই শ্রীযুক্ত ক্ষুদিরাম স্নান সেরে সেই বিল্বপত্র নিয়ে মহানন্দে ৺মহাদেব ও ৺শীতলামাতার বহুক্ষণ ধরে পূজা করলেন; পরে নিজে খেতে বসলেন। শ্রীমতী চন্দ্রাদেবী তখন সুযোগ পেয়ে তাঁকে মেদিনীপুর না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন এবং আদ্যোপান্ত সব কথা শুনে, বিল্বপত্রে দেবার্চনা করার লোভে স্বামী এতটা পথ পেরিয়ে এসেছেন জেনে যারপরনাই বিস্মিত হলেন। পরদিন ভোরে শ্রীযুক্ত ক্ষুদিরাম আবার মেদিনীপুর যাত্রা করলেন।
রামকুমার ও কাত্যায়নীর বিবাহ
এক, দুই করে ক্রমে কামারপুকুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের ছয় বছর কেটে গেল। তাঁর পুত্র রামকুমার তখন ষোলো বছরে এবং কন্যা কাত্যায়নী এগারো বছরে পা দিল। কন্যার বিবাহের বয়স হয়েছে দেখে তিনি এবার পাত্রের খোঁজ করতে শুরু করলেন এবং কামারপুকুরের উত্তরে এক ক্রোশ দূরে অবস্থিত আনুড় গ্রামের শ্রীযুক্ত কেনারাম বন্দ্যোপাধ্যায়কে কন্যা সম্প্রদান করে কেনারামের বোনের সঙ্গে পুত্র রামকুমারের বিবাহ দিলেন। রামকুমার নিকটস্থ গ্রামের চতুষ্পাঠীতে আগেই ব্যাকরণ ও সাহিত্যপাঠ শেষ করে তখন স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করছিলেন।
সুখলাল গোস্বামীর মৃত্যু ইত্যাদি
ক্রমে আরও তিন-চার বছর কেটে গেল। ৺রঘুবীরের প্রসাদে শ্রীযুক্ত ক্ষুদিরামের সংসারে এখন আগের চেয়ে অনেক ভালো বন্দোবস্ত হয়েছে এবং তিনিও নিশ্চিন্তমনে শ্রীভগবানের আরাধনায় নিযুক্ত আছেন। ঘটনা বলতে সেই চার বছরে শ্রীযুক্ত রামকুমার স্মৃতি-অধ্যয়ন শেষ করে সংসারের আর্থিক উন্নতির জন্য যথাসাধ্য সাহায্য করতে শুরু করেছিলেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরামের পরম বন্ধু সুখলাল গোস্বামী তার মধ্যে কোনো এক সময়ে দেহরক্ষা করেছিলেন। হিতৈষী বন্ধু শ্রীযুক্ত সুখলালের মৃত্যুতে যে তিনি বিশেষ ব্যথিত হয়েছিলেন, তা বলাই বাহুল্য।
ক্ষুদিরামের ৺সেতুবন্ধতীর্থদর্শন ও রামেশ্বর নামে পুত্রের জন্ম
রামকুমার মানুষ হয়ে সংসারের ভার নিয়েছেন দেখে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিশ্চিন্ত হয়ে এবার অন্য বিষয়ে মন দেওয়ার অবসর পেলেন। তীর্থ-দর্শনের জন্য তাঁর অন্তর তখন ব্যাকুল হয়ে উঠল। তারপর সম্ভবত সন ১২৩০ সালে তিনি হেঁটে ৺সেতুবন্ধরামেশ্বর দর্শনে গেলেন এবং দাক্ষিণাত্য প্রদেশের তীর্থগুলি পর্যটন করে প্রায় এক বছর পরে বাড়ি ফিরে এলেন। ৺সেতুবন্ধ থেকে এই সময়ে তিনি একটি বাণলিঙ্গ কামারপুকুরে এনে নিত্য পূজা করতে লাগলেন। ৺রামেশ্বর নামের সেই বাণলিঙ্গটিকে এখনও কামারপুকুরে ৺রঘুবীর-শিলার ও ৺শীতলাদেবীর ঘটের পাশে দেখতে পাওয়া যায়। সে যা হোক, শ্রীমতী চন্দ্রাদেবী এই সময়ে বহুকাল পরে আবার গর্ভধারণ করে সন ১২৩২ সালে এক পুত্র প্রসব করেছিলেন। ৺রামেশ্বর তীর্থ থেকে ফিরে এসে এই পুত্র লাভ করেছিলেন বলে শ্রীযুক্ত ক্ষুদিরাম এর নাম রামেশ্বর রেখেছিলেন।
রামকুমারের দৈবী শক্তি
এই ঘটনার পরে প্রায় আট বছর ধরে কামারপুকুরের এই দরিদ্র সংসারে জীবন-প্রবাহ প্রায় একইভাবে বয়ে চলেছিল। শ্রীযুক্ত রামকুমার স্মৃতির বিধান দিয়ে এবং শান্তি-স্বস্ত্যয়নাদি কর্ম করে এই সময়ে উপার্জন করছিলেন; সুতরাং সংসারে তখন আর আগের মতো কষ্ট ছিল না। শান্তি-স্বস্ত্যয়নাদি কর্মে রামকুমার বিশেষ পটু হয়েছিলেন। শোনা যায়, তিনি এ বিষয়ে দৈবী শক্তি লাভ করেছিলেন। শাস্ত্র-অধ্যয়নের ফলে আদ্যাশক্তির উপাসনায় তাঁর আগেই বিশেষ শ্রদ্ধা জন্মেছিল এবং তিনি উপযুক্ত গুরুর কাছে ৺দেবীমন্ত্রও গ্রহণ করেছিলেন। অভীষ্টদেবীকে নিত্য পূজা করার সময় একদিন তাঁর অপূর্ব দর্শনলাভ হল এবং তিনি অনুভব করতে লাগলেন যেন ৺দেবী নিজের আঙুল দিয়ে তাঁর জিহ্বাগ্রে জ্যোতিষশাস্ত্রে সিদ্ধিলাভের জন্য কোনো মন্ত্রবর্ণ লিখে দিচ্ছেন। তখন থেকে রোগীকে দেখলেই তিনি বুঝতে পারতেন, সে আরোগ্যলাভ করবে কি না এবং সেই ক্ষমতার প্রভাবে তিনি যে রোগীর সম্বন্ধে যা বলতেন, তা-ই ফলে যেতে লাগল। এভাবে ভবিষ্যদ্বক্তা বলে এই সময়ে এ অঞ্চলে তাঁর সামান্য প্রসিদ্ধি হয়েছিল। শোনা যায়, তিনি এই সময়ে কঠিন অসুখে আক্রান্ত লোককে দেখে তার জন্য স্বস্ত্যয়ন করতে বসতেন এবং জোর দিয়ে বলতেন, এই স্বস্ত্যয়ন-বেদিতে যে শস্য ছড়াচ্ছি, তাতে কল বেরোলেই এই ব্যক্তি আরোগ্যলাভ করবে। বাস্তবিক, হতও তা-ই। তাঁর সেই ক্ষমতার উদাহরণস্বরূপ তাঁর ভাইপো শ্রীযুক্ত শিবরাম চট্টোপাধ্যায় আমাদের এই ঘটনাটি বলেছিলেন—
সেই শক্তির পরিচায়ক একটি ঘটনা
কাজ উপলক্ষে রামকুমার কলিকাতায় এসে একদিন গঙ্গায় স্নান করছিলেন। কোনো এক ধনী ব্যক্তি সেই সময়ে সপরিবারে সেখানে স্নান করতে এলেন এবং তাঁর স্ত্রীর জন্য শিবিকা গঙ্গাগর্ভে নিয়ে যাওয়া হলে, তার মধ্যে বসেই সেই যুবতী স্নান সারতে লাগলেন। পল্লিগ্রামবাসী রামকুমার স্নানের সময় স্ত্রীলোকদের এভাবে আবরু রক্ষা কখনও দেখেননি। সুতরাং বিস্মিত হয়ে তা দেখছিলেন, এমন সময় শিবিকার মধ্যে বসা যুবতীর মুখকমল ক্ষণেকের জন্য দেখতে পেলেন এবং ওই দৈবী শক্তির প্রভাবে তাঁর মৃত্যুর কথা জানতে পেরে আক্ষেপ করে বলে ফেললেন—“আহা! আজ যাকে এত আদবকায়দায় স্নান করাচ্ছে, কাল তাকে সকলের সামনে গঙ্গায় বিসর্জন দেবে!” ধনী ব্যক্তি এ কথা শুনতে পেয়ে তা পরীক্ষা করার জন্য শ্রীযুক্ত রামকুমারকে নিজের বাড়িতে সাগ্রহে ডেকে নিয়ে গেলেন। মনে মনে তাঁর অভিপ্রায় ছিল, ঘটনা সত্য না হলে রামকুমারকে বিশেষভাবে অপমান করবেন। যুবতী সম্পূর্ণ সুস্থ থাকায় এমন ঘটনা ঘটার কোনো লক্ষণও বাস্তবিক তখন দেখা যায়নি; কিন্তু শেষে শ্রীযুক্ত রামকুমার যা বলেছিলেন, তা-ই হল এবং সেই ব্যক্তিও তাঁকে সম্মানের সঙ্গে বিদায় দিতে বাধ্য হলেন।
সেই শক্তির পরিচায়ক রামকুমারের স্ত্রীর সম্বন্ধীয় ঘটনা
নিজের স্ত্রীর ভাগ্য দর্শন করেও শ্রীযুক্ত রামকুমার এক সময়ে বিষম ফল নির্ণয় করেছিলেন এবং কিছুকাল পরে ঘটেছিলও তা-ই। আমরা শুনেছি, তাঁর স্ত্রী বিশেষ সুলক্ষণসম্পন্ন ছিলেন। সম্ভবত সন ১২২৬ সালে শ্রীযুক্ত রামকুমার পাণিগ্রহণ করে যেদিন তাঁর সাত বছরের পত্নীকে কামারপুকুরে এনেছিলেন, সেদিন থেকে তাঁর ভাগ্যচক্র উন্নতির দিকে ঘুরেছিল। তাঁর পিতার দরিদ্র সংসারেও সেদিন থেকে তেমনই পরিবর্তন দেখা দিয়েছিল। কারণ শ্রীযুক্ত ক্ষুদিরামের মেদিনীপুরনিবাসী ভাগনে শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের মাসিক সাহায্য সেই সময় থেকে আসতে আরম্ভ করেছিল। স্ত্রী হোক বা পুরুষ, সংসারে কারও প্রথম প্রবেশের সময় এমন শুভ ফল দেখা দিলে হিন্দুপরিবারে সকলে তাকে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখে, তা আর বলতে হবে না। বিশেষত, রামকুমারের বালিকা পত্নী তখন আবার এই দরিদ্র সংসারে একমাত্র পুত্রবধূ। সুতরাং বালিকা যে সকলের বিশেষ আদরের পাত্রী হবে, এতে আশ্চর্যের কিছুই নেই। আমরা শুনেছি, এত বেশি আদরযত্নের ফলে তার নানা সদ্গুণের সঙ্গে অভিমান ও অবাধ্যতা, এই দুটি দোষও প্রশ্রয় পেয়েছিল। এই দোষ সকলের চোখে পড়লেও কেউ কিছু বলতে বা সংশোধনের চেষ্টা করতে সাহস করত না। কারণ, সকলে ভাবত, সামান্য দোষ থাকলেও তার আসার সময় থেকেই কি সংসারের শ্রীবৃদ্ধি হয়নি? সে যা হোক, কিছুকাল পরে শ্রীযুক্ত রামকুমার তাঁর প্রাপ্তযৌবনা স্ত্রীকে দেখে বলেছিলেন, “সুলক্ষণা হলেও গর্ভধারণ করলেই এর মৃত্যু হবে!” পরে বহুকাল কেটে গেলেও যখন পত্নীর গর্ভ হল না, তখন তিনি তাঁকে বন্ধ্যা ভেবে নিশ্চিন্ত হয়েছিলেন। কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সে তাঁর পত্নী প্রথম ও শেষবার গর্ভবতী হয়ে সন ১২৫৫ সালে ছত্রিশ বছরে এক পরম রূপবান পুত্র প্রসব করার পর মারা গিয়েছিলেন। এই পুত্রের নাম অক্ষয় রাখা হয়েছিল। এ অনেক পরের ঘটনা হলেও সুবিধার জন্য পাঠককে এখানেই বলে রাখলাম।
ক্ষুদিরামের পরিবারের সকলের বিশেষত্ব
শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মের সংসারে স্ত্রী-পুরুষ সকলেরই একটা বিশেষত্ব ছিল। অনুধাবন করলে স্পষ্ট বোঝা যায়, তাঁদের প্রত্যেকের অন্তর্গত সেই বিশেষত্ব আধ্যাত্মিক রাজ্যের সূক্ষ্ম শক্তিগুলির অধিকার থেকে সর্বতোভাবে সমুদ্ভূত হত। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাঁর পত্নীর ভিতর এই বিশেষত্ব অসাধারণভাবে প্রকাশিত ছিল বলেই বোধ হয় তা তাঁদের সন্তানসন্ততির মধ্যে সঞ্চারিত হয়েছিল। শ্রীযুক্ত ক্ষুদিরাম সম্বন্ধে এ বিষয়ের অনেক কথা আমরা ইতিপূর্বে পাঠককে বলেছি। শ্রীমতী চন্দ্রমণি সম্বন্ধে এখন তেমনই একটি বিষয়ের উল্লেখ করা অসংগত হবে না। ঘটনাটিতে স্পষ্ট বোঝা যাবে, স্বামীর মতো শ্রীমতী চন্দ্রাদেবীর মধ্যেও দিব্যদর্শনশক্তি সময়ে সময়ে প্রকাশ পেত। ঘটনাটি রামকুমারের বিবাহের কিছু আগে ঘটেছিল। পনেরো বছরের রামকুমার তখন চতুষ্পাঠীতে অধ্যয়ন ছাড়াও যজমানদের বাড়িতে পূজা করে সংসারে যথাসাধ্য সাহায্য করত।
চন্দ্রাদেবীর দিব্যদর্শন-সম্বন্ধীয় ঘটনা
আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মীপূজার দিনে রামকুমার ভূরসুবো নামের গ্রামে যজমানের বাড়িতে সেই পূজা করতে গিয়েছিল। মাঝরাত পেরিয়ে গেলেও পুত্র বাড়ি ফিরছে না দেখে শ্রীমতী চন্দ্রাদেবী বিশেষ উৎকণ্ঠিত হলেন এবং বাড়ির বাইরে এসে পথের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ এভাবে কাটার পরে তিনি দেখতে পেলেন, প্রান্তরের পথ পেরিয়ে ভূরসুবোর দিক থেকে কে একজন কামারপুকুরে আসছে। পুত্র আসছে ভেবে তিনি উৎসাহে কয়েক পা এগিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু আগন্তুক কাছে এলে দেখলেন সে রামকুমার নয়, এক পরমা সুন্দরী রমণী নানা অলংকারে ভূষিত হয়ে একা চলে আসছেন। পুত্রের অমঙ্গলের আশঙ্কায় শ্রীমতী চন্দ্রাদেবী তখন বিশেষ আকুল, সুতরাং ভদ্রবংশীয়া যুবতী রমণীকে গভীর রাতে এভাবে পথ চলতে দেখেও বিস্মিত হলেন না। সরলভাবে তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “মা, তুমি কোথা থেকে আসছ?” রমণী উত্তর দিলেন, “ভূরসুবো থেকে।” শ্রীমতী চন্দ্রা তখন ব্যস্তভাবে জিজ্ঞাসা করলেন, “আমার ছেলে রামকুমারের সঙ্গে কি তোমার দেখা হয়েছিল? সে কি ফিরছে?” অপরিচিতা রমণী তাঁর পুত্রকে চিনবেন কী করে, এ কথা তাঁর মনে একবারও এল না। রমণী তাঁকে সান্ত্বনা দিয়ে বললেন, “হ্যাঁ, তোমার ছেলে যে বাড়িতে পূজা করতে গিয়েছে, আমি সেই বাড়ি থেকেই এখন আসছি। ভয় নেই, তোমার ছেলে এখনই ফিরবে।” শ্রীমতী চন্দ্রা এতক্ষণে আশ্বস্ত হয়ে অন্য বিষয় ভাবার অবসর পেলেন এবং রমণীর অসামান্য রূপ, বহুমূল্য পরিচ্ছদ ও নতুন ধরনের অলংকারগুলি দেখে এবং মধুর বচন শুনে বললেন, “মা, তোমার বয়স অল্প; এত গহনা-গাঁটি পরে এত রাতে কোথায় যাচ্ছ? তোমার কানে ও কী গহনা?” রমণী ঈষৎ হেসে বললেন, “ওর নাম কুণ্ডল, আমাকে এখনও অনেক দূরে যেতে হবে।” শ্রীমতী চন্দ্রাদেবী তখন তাঁকে বিপন্ন ভেবে সস্নেহে বললেন, “চলো না, আমাদের ঘরে আজ রাতের মতো বিশ্রাম করে কাল যেখানে যাবার, যাবে এখন।” রমণী বললেন, “না মা, আমাকে এখনই যেতে হবে; তোমাদের বাড়িতে আমি অন্য সময়ে আসব।” রমণী এই বলে তাঁর কাছে বিদায় নিলেন এবং শ্রীমতী চন্দ্রাদেবীর বাড়ির পাশেই লাহাবাবুদের যে অনেকগুলি ধানের মরাই ছিল, সেই দিকে চলে গেলেন। রাস্তা না ধরে লাহাবাবুদের বাড়ির দিকে তাঁকে যেতে দেখে চন্দ্রাদেবী বিস্মিত হলেন এবং রমণী পথ ভুলেছে ভেবে সেখানে গিয়ে চারদিকে তন্ন তন্ন করে খুঁজেও তাঁকে আর দেখতে পেলেন না। তখন রমণীর কথাগুলি স্মরণ করতে করতে সহসা তাঁর প্রাণে উদয় হল, স্বয়ং লক্ষ্মীদেবীকে দর্শন করলাম নাকি? তারপর কম্পিত হৃদয়ে স্বামীর পাশে গিয়ে তাঁকে আদ্যোপান্ত সমস্ত কথা খুলে বললেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম সমস্ত শুনে ‘শ্রীশ্রীলক্ষ্মীদেবীই তোমাকে কৃপা করে দর্শন দিয়েছেন’ বলে তাঁকে আশ্বস্ত করলেন। রামকুমারও কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে জননীর কাছে সে কথা শুনে যারপরনাই বিস্মিত হলেন।
ক্ষুদিরামের ৺গয়াতীর্থে গমন
ক্রমে সন ১২৪১ সাল এসে পড়ল। শ্রীযুক্ত ক্ষুদিরামের জীবনে এই সময়ে একটি বিশেষ ঘটনা ঘটেছিল। তীর্থদর্শনের অভিলাষ তাঁর মনে পুনরায় প্রবল হয়ে ওঠায়, পিতৃপুরুষদের উদ্ধারের জন্য তিনি এবার গয়া যাওয়ার সংকল্প করলেন। ষাট বছরে পা দিলেও তিনি হেঁটে সেই ধামে যেতে কিছুমাত্র সংকুচিত হলেন না। তাঁর ভাগনি শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায় তাঁর গয়াধাম যাওয়ার কারণ সম্বন্ধে একটি অদ্ভুত ঘটনা আমাদের বলেছিলেন।
ক্ষুদিরামের গয়া গমন সম্বন্ধে হৃদয়রাম কথিত ঘটনা
কন্যা শ্রীমতী কাত্যায়নী দেবীর কঠিন অসুখের সংবাদ পেয়ে শ্রীযুক্ত ক্ষুদিরাম এই সময়ে একদিন আনুর গ্রামে তাঁকে দেখতে গিয়েছিলেন। শ্রীমতী কাত্যায়নীর বয়স তখন আন্দাজ পঁচিশ বছর হবে। অসুস্থ কন্যার হাবভাব ও কথাবার্তায় তাঁর নিশ্চিত ধারণা হল, কাত্যায়নীর শরীরে কোনো ভূতযোনির আবেশ হয়েছে। তখন সমাহিতচিত্তে শ্রীভগবানকে স্মরণ করে তিনি কন্যার শরীরে প্রবিষ্ট জীবের উদ্দেশে বললেন, “তুমি দেবতা বা উপদেবতা যা-ই হও, কেন আমার কন্যাকে এমন কষ্ট দিচ্ছ? অবিলম্বে এর শরীর ছেড়ে অন্যত্র যাও।” তাঁর এ কথা শুনে সেই জীব ভীত ও সংকুচিত হয়ে শ্রীমতী কাত্যায়নীর শরীর অবলম্বন করে উত্তর দিল, “গয়ায় পিণ্ডদানের প্রতিশ্রুতি দিয়ে যদি আপনি আমার বর্তমান কষ্টের অবসান ঘটান, তাহলে আমি আপনার কন্যার শরীর এখনই ছাড়তে রাজি আছি। আপনি যখনই সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবেন, তখন থেকে এর আর কোনো অসুস্থতা থাকবে না, এ কথা আমি আপনার কাছে অঙ্গীকার করছি।” তারপর শ্রীযুক্ত ক্ষুদিরাম সেই জীবের দুঃখে দুঃখিত হয়ে বললেন, “আমি যত শীঘ্র পারি ৺গয়াধামে গিয়ে তোমার অভিলাষ পূরণ করব এবং পিণ্ডদানের পরে তুমি যে নিশ্চয় উদ্ধার হলে, তার কোনোরকম নিদর্শন পেলে বিশেষ সুখী হব।” তখন প্রেত বলল, “তার নিশ্চিত প্রমাণস্বরূপ সামনের নিমগাছের সবচেয়ে বড় ডালটি আমি ভেঙে যাব, জানবেন।” হৃদয়রাম বললেন, এই ঘটনাই শ্রীযুক্ত ক্ষুদিরামকে ৺গয়াধামে যাত্রা করতে প্রোৎসাহিত করেছিল এবং তার কিছুকাল পরে সেই গাছের ডালটি সহসা ভেঙে যাওয়ায়, সকলে ওই প্রেতের উদ্ধার হওয়ার কথা নিঃসংশয়ে জানতে পেরেছিল। শ্রীমতী কাত্যায়নী দেবীও তখন থেকে সম্পূর্ণভাবে নীরোগ হয়েছিলেন। হৃদয়রাম-কথিত ওই ঘটনাটি কতটা সত্য, তা বলতে পারি না, কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরাম যে এই সময়ে ৺গয়াদর্শনে গিয়েছিলেন, তাতে কিছুমাত্র সন্দেহ নেই।
৺গয়াধামে ক্ষুদিরামের দেবস্বপ্ন
সন ১২৪১ সালের শীতের কোনো সময়ে শ্রীযুক্ত ক্ষুদিরাম বারাণসী[1] ও ৺গয়াধাম দর্শন করতে গিয়েছিলেন। বারাণসীতে ৺বিশ্বনাথকে দর্শন করে যখন তিনি গয়াক্ষেত্রে পৌঁছলেন, তখন চৈত্র মাস পড়েছে। মধুমাসে সেই ক্ষেত্রে পিণ্ডপ্রদানে পিতৃপুরুষদের অক্ষয় পরিতৃপ্তি হয় জেনেই বোধ হয় তিনি সেই মাসে গয়ায় এসেছিলেন। প্রায় এক মাস সেখানে থেকে তিনি যথাবিহিত ক্ষেত্রকার্যগুলির অনুষ্ঠান করে পরিশেষে ৺গদাধরের শ্রীপাদপদ্মে পিণ্ডপ্রদান করলেন। এভাবে যথাশাস্ত্র পিতৃকার্য সম্পন্ন করার পর শ্রীযুক্ত ক্ষুদিরামের বিশ্বাসী হৃদয়ে সেদিন যে কতটা তৃপ্তি ও শান্তি এসেছিল, তা বলবার নয়। পিতৃঋণ যথাসাধ্য পরিশোধ করে তিনি যেন আজ নিশ্চিন্ত হলেন এবং শ্রীভগবান তাঁর মতো অযোগ্য ব্যক্তিকে সে কাজ সমাধা করতে শক্তি দিয়েছেন ভেবে তাঁর কৃতজ্ঞ অন্তর অভূতপূর্ব দীনতা ও প্রেমে পূর্ণ হয়ে উঠল। দিনের বেলায় তো কথাই নেই, রাতে নিদ্রার সময়েও সেই শান্তি ও উল্লাস তাঁকে ত্যাগ করেনি। কিছুক্ষণ নিদ্রা যেতে না যেতে তিনি স্বপ্নে দেখতে লাগলেন, তিনি যেন শ্রীমন্দিরে ৺গদাধরের শ্রীপাদপদ্মের সামনে পুনরায় পিতৃপুরুষদের উদ্দেশে পিণ্ডপ্রদান করছেন এবং তাঁরা যেন দিব্য জ্যোতির্ময় শরীরে তা সানন্দে গ্রহণ করে তাঁকে আশীর্বাদ করছেন! বহুকাল পরে তাঁদের দর্শনলাভ করে তিনি যেন আত্মসংবরণ করতে পারছেন না; ভক্তিগদ্গদচিত্তে কাঁদতে কাঁদতে তাঁদের পাদস্পর্শ করে প্রণাম করছেন। পরক্ষণেই আবার দেখতে লাগলেন, যেন অদৃষ্টপূর্ব দিব্য জ্যোতিতে মন্দির পূর্ণ হয়েছে এবং পিতৃপুরুষেরা সসম্ভ্রমে, সংযতভাবে দুই পাশে করজোড়ে দাঁড়িয়ে মন্দিরের মধ্যে বিচিত্র সিংহাসনে সুখাসীন এক অদ্ভুত পুরুষের উপাসনা করছেন। দেখলেন, নবদূর্বাদল-শ্যাম জ্যোতির্মণ্ডিততনু সেই পুরুষ স্নিগ্ধপ্রসন্ন দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে হাসিমুখে তাঁকে কাছে যাওয়ার জন্য ইঙ্গিত করছেন! যন্ত্রচালিতের মতো তিনি যেন তখন তাঁর সামনে উপস্থিত হলেন এবং ভক্তিবিহ্বলচিত্তে দণ্ডবৎ প্রণাম করে হৃদয়ের আবেগে কত প্রকার স্তুতি ও বন্দনা করতে লাগলেন। দেখলেন, সেই দিব্য পুরুষ যেন তাতে পরিতুষ্ট হয়ে বীণানিস্যন্দি মধুর স্বরে তাঁকে বলতে লাগলেন, “ক্ষুদিরাম, তোমার ভক্তিতে পরম প্রসন্ন হয়েছি, পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব!” স্বপ্নেরও অতীত সেই কথা শুনে তাঁর যেন আনন্দের অবধি রইল না, কিন্তু পরক্ষণেই চিরদরিদ্র তিনি তাঁকে কী খেতে দেবেন, কোথায় রাখবেন ইত্যাদি ভেবে গভীর বিষাদে পূর্ণ হয়ে কাঁদতে কাঁদতে তাঁকে বললেন, “না, না প্রভু, আমার এমন সৌভাগ্যের প্রয়োজন নেই; কৃপা করে আপনি যে আমাকে দর্শন দান করে কৃতার্থ করলেন এবং এমন অভিপ্রায় প্রকাশ করলেন, এটাই আমার পক্ষে যথেষ্ট; সত্যি সত্যি পুত্র হলে দরিদ্র আমি আপনার কী সেবা করতে পারব!” এই অমানব পুরুষ যেন তখন তাঁর এমন করুণ বচন শুনে আরও প্রসন্ন হলেন এবং বললেন, “ভয় নেই, ক্ষুদিরাম, তুমি যা দেবে তা-ই আমি তৃপ্তির সঙ্গে গ্রহণ করব; আমার অভিলাষ পূরণ করতে আপত্তি কোরো না।” শ্রীযুক্ত ক্ষুদিরাম এই কথা শুনে যেন আর কিছুই বলতে পারলেন না; আনন্দ, দুঃখ প্রভৃতি পরস্পরবিপরীত ভাবসমূহ তাঁর অন্তরে যুগপৎ প্রবাহিত হয়ে তাঁকে একেবারে স্তম্ভিত ও জ্ঞানশূন্য করল। এমন সময়ে তাঁর ঘুম ভেঙে গেল।
কামারপুকুরে প্রত্যাগমন
ঘুম ভাঙলে শ্রীযুক্ত ক্ষুদিরাম কোথায় রয়েছেন, তা অনেকক্ষণ পর্যন্ত বুঝতে পারলেন না। সেই স্বপ্নের বাস্তবতা তাঁকে একেবারে অভিভূত করে রাখল। পরে ধীরে ধীরে তাঁর যখন স্থূল জগতের জ্ঞান এল, তখন বিছানা ছেড়ে উঠে তিনি সেই অদ্ভুত স্বপ্ন স্মরণ করে নানা কথা ভাবতে লাগলেন। পরিণামে তাঁর বিশ্বাসপ্রবণ হৃদয় স্থিরনিশ্চয় করল, দেবস্বপ্ন কখনও বৃথা হয় না—নিশ্চয় কোনো মহাপুরুষ তাঁর গৃহে শীঘ্রই জন্মপরিগ্রহ করবেন—বৃদ্ধ বয়সে নিশ্চয় তাঁকে পুনরায় পুত্রমুখ দেখতে হবে। তারপর সেই অদ্ভুত স্বপ্নের সত্যতা পরীক্ষা না করে কারও কাছে তার বিবরণ প্রকাশ করবেন না, এই সংকল্প তিনি মনে মনে স্থির করলেন এবং কয়েক দিন পরে ৺গয়াধাম থেকে বিদায় নিয়ে সন ১২৪২ সালের বৈশাখে কামারপুকুরে এসে পৌঁছলেন।
_________________________________________________
[1] কেউ কেউ বলেন, শ্রীযুক্ত ক্ষুদিরাম অনেক আগে এক সময়ে দেরেপুর থেকে তীর্থে গিয়ে শ্রীবৃন্দাবন, ৺অযোধ্যা, ও ৺বারাণসী দর্শন করে এসেছিলেন এবং তার কিছুকাল পরে তাঁর পুত্র ও কন্যা জন্মগ্রহণ করলে তিনি সেই তীর্থযাত্রার কথা স্মরণ করে তাঁদের রামকুমার ও কাত্যায়নী নাম রেখেছিলেন। শেষবারে তিনি কেবলমাত্র ৺গয়াধাম দর্শন করেই বাড়ি ফিরেছিলেন।
অবতারপুরুষের আবির্ভাবকালে তাঁর জনক-জননীর দিব্য অনুভবাদি সম্বন্ধে শাস্ত্রকথা
জগৎপাবন মহাপুরুষদের জন্মপরিগ্রহ করার সময় তাঁদের জনক-জননীর জীবনে অসাধারণ আধ্যাত্মিক অনুভব ও দর্শন হওয়ার কথা পৃথিবীর সকল জাতির ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে। ভগবান শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ, মায়াদেবীতনয় বুদ্ধ, মেরীনন্দন ঈশা, শ্রীভগবান শঙ্কর, মহাপ্রভু শ্রীকৃষ্ণচৈতন্য প্রভৃতি যে-সকল মহামহিম পুরুষপ্রবর মানবমনের ভক্তিশ্রদ্ধাপূত পূজার্ঘ্য আজ পর্যন্ত প্রতিনিয়ত পেয়ে আসছেন, তাঁদের প্রত্যেকের জনক-জননী সম্বন্ধেই এমন কথা শাস্ত্রনিবদ্ধ দেখা যায়। প্রমাণস্বরূপ এই কয়েকটি কথা এখানে স্মরণ করলেই যথেষ্ট হবে—
যজ্ঞাবশিষ্ট পাত্রাবশেষ বা চরু ভোজন করে ভগবান শ্রীরামচন্দ্রপ্রমুখ ভ্রাতৃচতুষ্টয়ের জননীদের গর্ভধারণের কথাই কেবল রামায়ণপ্রসিদ্ধ নয়, ভূমিষ্ঠ হওয়ার আগে ও পরে সেই ভ্রাতৃচতুষ্টয়কে তাঁরা যে বহুবার জগৎপাতা শ্রীভগবান বিষ্ণুর অংশসম্ভূত ও দিব্যশক্তিসম্পন্ন বলে জানতে পেরেছিলেন, তা-ও সেখানে লিপিবদ্ধ আছে।
শ্রীভগবান শ্রীকৃষ্ণের জনক-জননী তাঁর গর্ভপ্রবেশকালে এবং ভূমিষ্ঠ হওয়ার ঠিক পরে তাঁকে ষড়ৈশ্বর্যসম্পন্ন মূর্তিমান ঈশ্বররূপে অনুভব করেছিলেন; তা ছাড়া তাঁর জন্মগ্রহণের পরক্ষণ থেকে প্রতিদিন তাঁদের জীবনে নানা অদ্ভুত উপলব্ধি হওয়ার কথা শ্রীমদ্ভাগবতাদি পুরাণে লিপিবদ্ধ আছে।
শ্রীভগবান বুদ্ধদেবের গর্ভপ্রবেশকালে শ্রীমতী মায়াদেবী দর্শন করেছিলেন, জ্যোতির্ময় শ্বেত হস্তীর আকার ধারণ করে কোনো পুরুষপ্রবর যেন তাঁর উদরে প্রবেশ করছেন এবং তাঁর সৌভাগ্য দেখে ইন্দ্রপ্রমুখ যাবতীয় দেবতা যেন তাঁকে বন্দনা করছেন।
শ্রীভগবান ঈশার জন্মগ্রহণকালে তাঁর জননী শ্রীমতী মেরী অনুভব করেছিলেন, স্বামী শ্রীযুত যোষেফের সঙ্গে মিলিত হওয়ার আগেই যেন তাঁর গর্ভ হয়েছে—অননুভূতপূর্ব দিব্য আবেশে আবিষ্ট ও তন্ময় হওয়াতেই তাঁর গর্ভলক্ষণ প্রকাশ পেয়েছে।
শ্রীভগবান শঙ্করের জননী অনুভব করেছিলেন, দেবাদিদেব মহাদেবের দিব্যদর্শন ও বরলাভেই তিনি গর্ভধারণ করেছেন।
শ্রীভগবান শ্রীকৃষ্ণচৈতন্যের জননী শ্রীমতী শচীদেবীর জীবনেও তেমন নানা দিব্য অনুভব দেখা দেওয়ার কথা ‘শ্রীচৈতন্যচরিতামৃত’ প্রমুখ গ্রন্থে লিপিবদ্ধ আছে।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি যাবতীয় ধর্ম ঈশ্বরের সপ্রেম উপাসনাকে মুক্তিলাভের সুগম পথ বলে মানুষকে দেখিয়ে দিয়েছে; তারা সকলেই এ বিষয়ে এমন একমত হওয়ায় নিরপেক্ষ বিচারকের মনে স্বভাবতই প্রশ্ন জাগে, এর ভিতর বাস্তবিক কোনো সত্য প্রচ্ছন্ন রয়েছে কি না এবং মহাপুরুষদের জীবনেতিহাসে বর্ণিত ওইসব আখ্যায়িকার ভিতর কতটা গ্রহণ এবং কতটা বা ত্যাগ করা বিধেয়।
সেই শাস্ত্রকথার যুক্তিনির্দেশ
অন্য দিকে যুক্তি মানুষকে ইঙ্গিত দেয় যে, কথাটার ভিতর কিছু সত্য থাকলেও থাকতে পারে। কারণ, বর্তমান যুগের বিজ্ঞান যখন স্বীকার করে যে, উদার চরিত্রবান পুত্রের জন্ম দেওয়ার সামর্থ্য উচ্চপ্রকৃতিসম্পন্ন পিতামাতারই আছে, তখন শ্রীকৃষ্ণ, বুদ্ধ ও ঈশাদির মতো মহাপুরুষদের জনক-জননী যে বিশেষ সদ্গুণসম্পন্ন ছিলেন, তা মেনে নিতে হয়। সেইসঙ্গে এ-ও স্বীকার করতে হয় যে, ওইসব পুরুষোত্তমকে জন্ম দেওয়ার সময় তাঁদের মন সাধারণ মানুষের চেয়ে অনেক উচ্চ ভূমিতে অবস্থান করেছিল এবং এই উচ্চ ভূমিতে অবস্থানের জন্যই তাঁরা সেই সময়ে অসাধারণ দর্শন ও অনুভবাদির অধিকারী হয়েছিলেন।
সহজে বিশ্বাসগম্য না হলেও ওইসব কথা মিথ্যা বলে ত্যাজ্য নয়
কিন্তু পুরাণেতিহাস এ বিষয়ে নানা দৃষ্টান্তের উল্লেখ করলেও এবং যুক্তি সে কথা এভাবে সমর্থন করলেও, মানবমন তাতে সম্পূর্ণ বিশ্বাসী হতে পারে না। কারণ, সে সর্বোপরি নিজের প্রত্যক্ষের উপরেই বিশ্বাস রাখে এবং সেজন্য আত্মা, ঈশ্বর, মুক্তি, পরকাল প্রভৃতি বিষয়েও অপরোক্ষানুভূতির আগে কখনও নিঃসন্দেহে বিশ্বাস করতে পারে না। তা হলেও কিন্তু নিরপেক্ষ বিচার-বুদ্ধি অসাধারণ বা অলৌকিক বলেই কোনো বিষয়কে ত্যাজ্য মনে করে না—বরং স্বয়ং সাক্ষিস্বরূপে থেকে স্থিরভাবে সে বিষয়ে স্বপক্ষ ও বিপক্ষ প্রমাণগুলি সংগ্রহ করতে অগ্রসর হয় এবং উপযুক্ত সময়ে বিষয়টিকে মিথ্যা বলে ত্যাগ অথবা সত্য বলে গ্রহণ করে।
সে যা হোক, যে মহাপুরুষের জীবনেতিহাস আমরা লিখতে বসেছি, তাঁর জন্মকালে তাঁর জনক-জননীর জীবনেও নানা দিব্যদর্শন ও অনুভব দেখা দিয়েছিল, তা আমরা অতি বিশ্বস্তসূত্রে জেনেছি। সুতরাং সেই সব কথা লিপিবদ্ধ করা ছাড়া আমাদের গত্যন্তর নেই। আগের অধ্যায়ে শ্রীযুক্ত ক্ষুদিরাম সম্বন্ধে এমন কয়েকটি কথা পাঠককে বলেছি। বর্তমান অধ্যায়ে শ্রীমতী চন্দ্রমণি সম্বন্ধে তেমন সব কথা আমরা এখানে লিপিবদ্ধ করলাম।
গয়া থেকে ফিরে ক্ষুদিরামের চোখে চন্দ্রাদেবীর ভাব-পরিবর্তন
আমরা ইতিপূর্বে বলেছি, ৺গয়াধামে শ্রীযুক্ত ক্ষুদিরাম যে অদ্ভুত স্বপ্ন দর্শন করেছিলেন, বাড়ি ফিরে সে কথা কাউকে না বলে তিনি নীরবে তার ফলাফল লক্ষ করেছিলেন। এ নিয়ে খোঁজ করতে গিয়ে শ্রীমতী চন্দ্রাদেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন প্রথমেই তাঁর চোখে পড়েছিল। তিনি দেখেছিলেন, মানবী চন্দ্রা এখন যেন সত্যি সত্যিই দেবীত্বের পদে আরূঢ় হয়েছেন! কোথা থেকে একটা সর্বজনীন প্রেম এসে তাঁর হৃদয় অধিকার করে সংসারের বাসনাময় কোলাহল থেকে তাঁকে যেন অনেক উঁচুতে তুলে রেখেছে। নিজের সংসারের চিন্তার চেয়ে শ্রীমতী চন্দ্রার মনে এখন অভাবগ্রস্ত প্রতিবেশীদের সংসারের চিন্তাই প্রবল হয়েছে। নিজের সংসারের কর্তব্য পালন করতে করতে তিনি দশবার ছুটে গিয়ে তাদের দেখাশোনা করে আসেন এবং খাবারদাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে যার যেটির অভাব দেখেন, আপন সংসার থেকে লুকিয়ে নিয়ে গিয়ে তখনই তাকে সেটি দিয়ে আসেন। আবার ৺রঘুবীরের সেবা সেরে স্বামী-পুত্রদের খাইয়ে বেলা তৃতীয় প্রহরে নিজে খেতে বসার আগে শ্রীমতী চন্দ্রা আর একবার তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে খবর নিয়ে আসেন, সকলের খাওয়া হয়েছে কি না। যদি কোনো দিন দেখতে পান যে, কোনো কারণে কারও খাওয়া জোটেনি, তবে তিনি তখনই তাকে সাদরে বাড়িতে এনে নিজের অন্ন ধরে দিয়ে নিজে খুশিমনে সামান্য জলযোগটুকু করেই দিন কাটিয়ে দেন।
চন্দ্রাদেবীর অপত্যস্নেহের প্রসারদর্শন
শ্রীমতী চন্দ্রা প্রতিবেশী বালকবালিকাদের চিরকাল অপত্যনির্বিশেষে ভালোবাসতেন। ক্ষুদিরাম দেখলেন, তাঁর সেই অপত্যস্নেহ এখন যেন দেবতাদের উপরও প্রসারিত হয়েছে। কুলদেবতা ৺রঘুবীরকে তিনি এখন নিজের পুত্রদের একজন রূপে সত্যি সত্যিই দর্শন করছেন এবং ৺শীতলাদেবী ও ৺রামেশ্বর বাণলিঙ্গটিও যেন তাঁর হৃদয়ে তেমন স্থান অধিকার করেছেন। আগে ওইসব দেবতার সেবাপূজার সময় তাঁর অন্তর শ্রদ্ধাপূর্ণ ভয়ে সর্বদা ভরে থাকত; ভালোবাসা আসায় সেই ভয় যেন এখন কোথায় অন্তর্হিত হয়েছে। দেবতাদের কাছে তাঁর এখন আর ভয় নেই, সংকোচ নেই, লুকোবার এবং চাইবার যেন কিছুই নেই! তার জায়গায় আছে কেবল তাঁদের আপনার চেয়েও আপন বলে জানা, তাঁদের সুখী করার জন্য সর্বস্ব দেওয়ার ইচ্ছা এবং তাঁদের সঙ্গে চিরসম্বন্ধ হওয়ার অনন্ত উল্লাস।
তা দেখে ক্ষুদিরামের চিন্তা ও সংকল্প
ক্ষুদিরাম বুঝলেন, এমন নিঃসংকোচ দেবভক্তি ও নির্ভর-প্রসূত উল্লাসই সরলহৃদয়া চন্দ্রাকে এখন আরও উদারস্বভাব করে তুলেছে। এ দুয়ের প্রভাবেই তিনি এখন কাউকে অবিশ্বাস করতে বা পর ভাবতে পারছেন না। কিন্তু স্বার্থপর পৃথিবীর লোক তাঁর এই অপূর্ব উদারতাকে কি কখনও যথার্থভাবে গ্রহণ করবে?—কখনোই না। তাঁকে অল্পবুদ্ধি বা ‘পাগল’ বলবে, অথবা আরও কঠোর ভাষায় তাঁকে চিহ্নিত করবে। এই ভেবে শ্রীযুক্ত ক্ষুদিরাম তাঁকে সতর্ক করে দেওয়ার সুযোগ খুঁজতে লাগলেন।
চন্দ্রাদেবীর দেব-স্বপ্ন
সে সুযোগ আসতে দেরিও হল না। সরলপ্রাণা চন্দ্রা স্বামীর কাছে নিজের চিন্তাটি পর্যন্ত কখনও গোপন করতে পারতেন না। সখীদের কাছেই তিনি অনেক সময় মনের সব কথা বলে ফেলতেন, তা যাঁর সঙ্গে ঈশ্বর পৃথিবীর সকলের চেয়ে নিকট সম্বন্ধ গড়ে দিয়েছেন, তাঁর কাছে সেসব গোপন করবেন কী করে? তাই ৺গয়াদর্শন করে শ্রীযুক্ত ক্ষুদিরাম বাড়ি ফিরতেই চন্দ্রাদেবী তাঁর অনুপস্থিতির সময় যা কিছু ঘটেছিল, দেখেছিলেন, অথবা অনুভব করেছিলেন—সেই সমস্ত কথা কয়েক দিন ধরে সুবিধা পেলেই যখন-তখন তাঁকে বলতে লাগলেন। এমনই এক সুযোগে একদিন বললেন, “দেখো, তুমি যখন ৺গয়া গিয়েছিলে, তখন একদিন রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। দেখলাম, যেন এক জ্যোতির্ময় দেবতা আমার বিছানা জুড়ে শুয়ে আছেন। প্রথমে ভেবেছিলাম তুমি, কিন্তু পরে বুঝেছিলাম কোনো মানুষের অমন রূপ হওয়া সম্ভব নয়। সে যা হোক, ওই দেখে ঘুম ভেঙে গেল। তখনও মনে হতে লাগল তিনি যেন বিছানায় রয়েছেন। পরক্ষণে মনে হল, মানুষের কাছে দেবতা আবার কোন কালে অমন করে আসেন? তখন মনে হল, তবে বুঝি কোনো দুষ্ট লোক মন্দ অভিসন্ধিতে ঘরে ঢুকেছে, আর তার পায়ের সাড়াশব্দের জন্য আমি অমন স্বপ্ন দেখেছি। এ কথা মনে হতেই বিষম ভয় হল। তাড়াতাড়ি উঠে প্রদীপ জ্বাললাম; দেখলাম, কেউ কোথাও নেই, ঘরের দরজায় যেমন খিল দেওয়া তেমনি রয়েছে। তবু ভয়ে সে রাতে আর ঘুমোতে পারলাম না। ভাবলাম, কেউ হয়তো কৌশলে খিল খুলে ঘরে ঢুকেছিল, আর আমাকে জেগে উঠতে দেখেই পালিয়ে আবার কৌশলে খিল দিয়ে গেছে। ভোর হতে না হতে ধনী কামারনী ও ধর্মদাস লাহার মেয়ে প্রসন্নকে ডাকালাম এবং সব কথা তাদের বলে জিজ্ঞাসা করলাম, ‘তোমরা কী বোঝো বলো দেখি, সত্যি সত্যিই কি কোনো লোক আমার ঘরে ঢুকেছিল? আমার সঙ্গে পাড়ার কারও বিরোধ নেই, কেবল মধু যুগীর সঙ্গে সেদিন সামান্য কথা নিয়ে কিছু বচসা হয়েছিল—সে-ই কি আড়ি করে ওভাবে ঘরে ঢুকেছিল?’ তখন তারা দুজনে হাসতে হাসতে আমাকে অনেক বকল। বলল, ‘মর মাগী, বুড়ো হয়ে তুই কি পাগল হলি নাকি যে, স্বপ্ন দেখে এইরূপে ঢলাচ্ছিস্! অপর লোক একথা শুনলে বলবে কী বল্ দেখি? তোর নামে একেবারে অপবাদ রটিয়ে দেবে। ফের যদি ওকথা কাউকে বলবি তো মজা দেখতে পাবি!’ তারা ওরকম বলায় ভাবলাম, তবে স্বপ্নই দেখেছিলাম। আরও ভাবলাম, এ কথা আর কাউকে বলব না, কিন্তু তুমি ফিরে এলে তোমাকে বলব।
শিবমন্দিরে চন্দ্রাদেবীর দিব্য দর্শন ও অনুভব
“আর একদিন যুগীদের শিবমন্দিরের সামনে দাঁড়িয়ে ধনীর সঙ্গে কথা বলছি, এমন সময় দেখতে পেলাম, ৺মহাদেবের শ্রীঅঙ্গ থেকে দিব্যজ্যোতি বেরিয়ে মন্দির পূর্ণ করেছে এবং বায়ুর মতো তরঙ্গাকারে তা আমার দিকে ছুটে আসছে। আশ্চর্য হয়ে ধনীকে সে কথা বলতে যাচ্ছি, এমন সময় সহসা সেই জ্যোতি কাছে এসে আমাকে যেন ছেয়ে ফেলল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করতে লাগল। ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে একেবারে মূর্ছা গিয়ে পড়ে গেলাম। পরে ধনীর শুশ্রূষায় চৈতন্য হলে তাকে সব কথা বললাম। সে শুনে প্রথমে অবাক হল, পরে বলল, ‘তোমার বায়ুরোগ হয়েছে।’ আমার কিন্তু সেই থেকে মনে হচ্ছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবেশ করে রয়েছে এবং আমার যেন গর্ভসঞ্চারের উপক্রম হয়েছে! সে কথাও ধনী এবং প্রসন্নকে বলেছিলাম। তারা শুনে আমাকে ‘নির্বোধ’ ‘পাগল’ ইত্যাদি কত কী বলে বকল, আর মনের ভ্রম থেকে অথবা বায়ুগুল্ম নামে ব্যাধি থেকে এমন হচ্ছে, এরকম নানা কথা বুঝিয়ে সে অনুভবের কথা কাউকে বলতে নিষেধ করল। তোমাকে ছাড়া সে কথা আর কাউকে বলব না ঠিক করে সেই থেকে এতদিন চুপ করে আছি। আচ্ছা তোমার কী মনে হয়? অমন দর্শন কি আমার দেবতার কৃপায় হয়েছে, নাকি বায়ুরোগে হয়েছে? এখনও আমার কিন্তু মনে হয়, আমার যেন গর্ভসঞ্চার হয়েছে।”
ওইসব কথা কাউকে না বলতে চন্দ্রাদেবীকে ক্ষুদিরামের সতর্ক করা
শ্রীযুক্ত ক্ষুদিরাম ৺গয়ায় দেখা নিজের স্বপ্নের কথা স্মরণ করতে করতে শ্রীমতী চন্দ্রার সব কথা শুনলেন এবং তা রোগজনিত নাও হতে পারে, এই কথা জানিয়ে তাঁকে নানাভাবে বুঝিয়ে বললেন, “এখন থেকে এমন দর্শন ও অনুভবের কথা আমাকে ছাড়া আর কাউকে বোলো না; শ্রীশ্রীরঘুবীর কৃপা করে যা-ই দেখান তা কল্যাণের জন্য, এই কথা ভেবে নিশ্চিন্ত হয়ে থাকবে। ৺গয়াধামে থাকার সময়, শ্রীশ্রীগদাধর আমাকেও অলৌকিক উপায়ে জানিয়েছেন, আমাদের পুনরায় পুত্রমুখ দর্শন করতে হবে।” শ্রীমতী চন্দ্রাদেবী দেবপ্রতিম স্বামীর এই কথা শুনে আশ্বস্ত হলেন এবং তাঁর আজ্ঞা মেনে এবার থেকে পূর্ণভাবে শ্রীশ্রীরঘুবীরের মুখাপেক্ষী হয়ে থাকতে লাগলেন। ব্রাহ্মণদম্পতির সেই কথোপকথনের পরে দিনের পর দিন গড়িয়ে ক্রমে তিন-চার মাস কেটে গেল। তখন সকলে নিঃসন্দেহে বুঝতে পারল, পঁয়তাল্লিশ বছর বয়সে ক্ষুদিরাম-গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবী সত্যি সত্যিই পুনরায় অন্তর্বত্নী হয়েছেন। গর্ভধারণের সময় রমণীর রূপলাবণ্য যে বাড়ে, তা সর্বত্রই দেখা যায়। চন্দ্রাদেবীরও তা-ই হয়েছিল। ধনী-প্রমুখ তাঁর প্রতিবেশিনীরা বলত, এবার গর্ভধারণের পর তাঁর রূপলাবণ্য যেন অন্য বারের চেয়ে বেশি হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আবার তা দেখে জল্পনা করত, ‘বুড়ো বয়সে গর্ভবতী হয়ে মাগীর এত রূপ! বোধ হয় ব্রাহ্মণী এবার প্রসবের সময় মারা পড়বে।’
চন্দ্রাদেবীর পুনরায় গর্ভধারণ ও সেই সময়ে তাঁর দিব্য-দর্শনসমূহ
সে যা হোক, গর্ভবতী হওয়ার পর শ্রীমতী চন্দ্রার দিব্যদর্শন ও অনুভবগুলি দিন দিন বেড়ে চলেছিল। শোনা যায়, এই সময়ে তিনি প্রায় নিত্যই দেবদেবীদের দর্শন পেতেন; কখনও বা অনুভব করতেন, তাঁদের শ্রীঅঙ্গনিঃসৃত পুণ্যগন্ধে ঘর পূর্ণ হয়েছে; কখনও বা দৈববাণী শুনে বিস্মিত হতেন। আবার শোনা যায়, সব দেব-দেবীর উপরেই তাঁর মাতৃস্নেহ যেন এই সময়ে উদ্বেলিত হয়ে উঠেছিল; শোনা যায়, তখন তিনি প্রায় প্রতিদিন সেই সব দর্শন ও অনুভবের কথা স্বামীকে বলে জিজ্ঞাসা করতেন, কেন তাঁর এমন হচ্ছে। শ্রীযুক্ত ক্ষুদিরাম তা শুনে তাঁকে নানাভাবে বুঝিয়ে সেসব নিয়ে শঙ্কিত হতে নিষেধ করতেন। সেই সময়ের একদিনের ঘটনা আমরা যেমন শুনেছি, তেমনই এখানে বিবৃত করছি। শ্রীমতী চন্দ্রা তাঁর স্বামীর কাছে সেদিন ভয়চকিত হয়ে এভাবে নিবেদন করেছিলেন, “দেব, শিবমন্দিরের সামনে জ্যোতিদর্শনের দিন থেকে মধ্যে মধ্যে কত যে দেব-দেবীর দর্শন পাই, তার ইয়ত্তা নেই। তাঁদের অনেকের মূর্তি আমি আগে কখনও ছবিতেও দেখিনি। আজ দেখি, হাঁসের উপর চড়ে একজন এসে হাজির। দেখে ভয় হল; আবার রোদের তাপে তার মুখখানি লাল হয়েছে দেখে মন কেমন করতে লাগল। তাকে ডেকে বললাম, ‘ওরে বাপ্ হাঁসেচড়া ঠাকুর রোদে তোর মুখখানি যে শুকিয়ে গেছে; ঘরে আমানি পান্তা আছে, দুটি খেয়ে ঠান্ডা হয়ে যা!’ সে ওই কথা শুনে হেসে যেন হাওয়ায় মিলিয়ে গেল! আর দেখতে পেলাম না। অমন কত মূর্তি দেখি! পূজা বা ধ্যান করে নয়—সহজ অবস্থায় যখন-তখন দেখি। কখনও কখনও আবার দেখতে পাই, তারা যেন মানুষের মতো হয়ে সামনে আসতে আসতে বাতাসে মিলিয়ে গেল। কেন অমন সব দেখতে পাই, বলো দেখি? আমার কি কোনো রোগ হল? সময়ে সময়ে ভাবি আমাকে গোসাঁইয়ে1 পেল নাকি?” শ্রীযুক্ত ক্ষুদিরাম তখন তাঁকে ৺গয়ায় দেখা নিজের স্বপ্নের কথা বলে বোঝাতে লাগলেন যে, অশেষ সৌভাগ্যের ফলে তিনি এবার পুরুষোত্তমকে গর্ভে ধারণ করেছেন এবং সেই পুরুষোত্তমের পুণ্যসংস্পর্শেই তাঁর এমন সব দিব্য দর্শন হচ্ছে। স্বামীর উপর অসীম বিশ্বাসশালিনী চন্দ্রার হৃদয় তাঁর এই সব কথা শুনে দিব্য ভক্তিতে পূর্ণ হল এবং নবীন বলে বলীয়ান হয়ে তিনি নিশ্চিন্ত হলেন।
এভাবে দিনের পর দিন যেতে লাগল এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাঁর পূতস্বভাবা গৃহিণী শ্রীশ্রীরঘুবীরের একান্ত শরণাগত থেকে, যাঁর শুভাগমনে তাঁদের জীবন ঐশী ভক্তিতে পূর্ণ হয়েছে, সেই মহাপুরুষ-পুত্রের মুখদর্শনের আশায় কাল কাটাতে লাগলেন।
_________________________________________________
[1] শ্রীযুক্ত সুখলাল গোস্বামীর মৃত্যুর পরে নানা দৈব উৎপাত দেখা দেওয়ায় পাড়ার লোকদের মনে ধারণা হয়েছিল যে, ওই গোস্বামী বা তাঁর বংশের কেউ মরে প্রেত হয়ে গোস্বামীদের বাড়ির সামনে যে বড় বকুল গাছ ছিল, তাতে থাকতেন। সেই বিশ্বাসের প্রভাবেই লোকে তখন কারও কোনোরকম দিব্যদর্শন হলে বলত, ‘ওকে গোসাঁইয়ে পেয়েছে।’ সরলহৃদয়া চন্দ্রাদেবী সেজন্যই এই সময়ে ওরকম বলেছিলেন।
শরৎ, হেমন্ত ও শীত পেরিয়ে ক্রমে ঋতুরাজ বসন্ত এল। শীত ও গ্রীষ্মের সুখসম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবরজঙ্গমের ভিতর নবীন প্রাণ সঞ্চার করে আজ ছয় দিন হল সংসারে সমাগত হয়েছে। জীবজগতে একটা বিশেষ উৎসাহ, আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বত্র দেখা যাচ্ছে। শাস্ত্রে আছে, ব্রহ্মানন্দের এক কণা সকলের মধ্যে নিহিত থেকে তাদের সরস করে রেখেছে—সেই দিব্যোজ্জ্বল আনন্দকণার কিছু বেশি মাত্রা পেয়েই কি এই কাল সংসারের সর্বত্র এত উল্লাস আনে?
চন্দ্রাদেবীর আশঙ্কা ও স্বামীর কথায় আশ্বাসপ্রাপ্তি
৺রঘুবীরের ভোগ রাঁধতে রাঁধতে আসন্নপ্রসবা শ্রীমতী চন্দ্রা প্রাণে আজ দিব্য উল্লাস অনুভব করছিলেন, কিন্তু শরীর নিতান্ত অবসন্ন বোধ করতে লাগলেন। সহসা তাঁর মনে হল, শরীরের যেমন অবস্থা তাতে কখন কী হয়; এখনই যদি প্রসবকাল এসে পড়ে তাহলে বাড়িতে এমন দ্বিতীয় লোক নেই যে, আজকের ঠাকুরসেবা চালিয়ে নেবে। তাহলে উপায়? ভয় পেয়ে তিনি এ কথা স্বামীকে নিবেদন করলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম তা শুনে তাঁকে আশ্বাস দিয়ে বললেন, “ভয় নেই, তোমার গর্ভে যিনি শুভাগমন করেছেন, তিনি ৺রঘুবীরের পূজাসেবায় বিঘ্ন ঘটিয়ে কখনোই সংসারে প্রবেশ করবেন না—এ আমার ধ্রুব বিশ্বাস; তাই নিশ্চিন্ত হও, আজকের মতো ঠাকুরসেবা তুমি নিশ্চয় চালাতে পারবে; কাল থেকে আমি তার জন্য অন্য বন্দোবস্ত করে রেখেছি এবং ধনীকেও বলা হয়েছে, সে যেন আজ রাত থেকে এখানেই শোয়।” শ্রীমতী চন্দ্রা স্বামীর এমন কথায় দেহে নবীন বলসঞ্চার অনুভব করলেন এবং খুশিমনে আবার ঘরের কাজে লেগে গেলেন। ঘটলও তা-ই—৺রঘুবীরের মধ্যাহ্ন-ভোগ এবং সান্ধ্যশীতলাদি কর্ম পর্যন্ত সেদিন নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল। রাতে খাওয়াদাওয়া সেরে শ্রীযুক্ত ক্ষুদিরাম ও রামকুমার শোবার ঘরে গেলেন এবং ধনী এসে চন্দ্রাদেবীর সঙ্গে এক ঘরে শুয়ে রইল। ৺রঘুবীরের ঘর ছাড়া বাড়িতে বসবাসের জন্য মাত্র দুখানি চালাঘর ও একখানি রান্নাঘর ছিল, এবং আর একখানি ছোট চালাঘরে এক পাশে ধান কোটার জন্য একটি ঢেঁকি এবং সেই ধান সেদ্ধ করার জন্য একটি উনুন ছিল। জায়গার অভাবে শেষের চালাখানিই শ্রীমতী চন্দ্রার আঁতুড়ঘর হিসেবে ঠিক করা ছিল।
গদাধরের জন্ম
রাত্রি অবসান হতে প্রায় অর্ধদণ্ড বাকি আছে, এমন সময়ে চন্দ্রাদেবীর প্রসবপীড়া দেখা দিল। ধনীর সাহায্যে তিনি সেই ঢেঁকিশালে গিয়ে শুলেন এবং অবিলম্বে এক পুত্রসন্তান প্রসব করলেন। শ্রীমতী চন্দ্রার জন্য ধনী তখন সময়োপযোগী ব্যবস্থা করে জাতককে সাহায্য করতে এগিয়ে গিয়ে দেখল, আগে তাকে যেখানে রেখেছিল, সেখান থেকে সে কোথায় অন্তর্হিত হয়েছে! ভয়ত্রস্ত হয়ে ধনী প্রদীপ উসকে দিল এবং খুঁজতে খুঁজতে দেখতে পেল, সে রক্তক্লেদময় পিচ্ছিল মাটিতে ধীরে ধীরে হড়কে ধান সেদ্ধ করার চুল্লির ভিতর ঢুকে গেছে, বিভূতিভূষিতাঙ্গ হয়ে পড়ে রয়েছে, অথচ কোনো শব্দ করেনি। ধনী তখন তাকে যত্নে তুলে নিল এবং পরিষ্কার করে প্রদীপের আলোয় ধরে দেখল, অদ্ভুত, প্রিয়দর্শন বালক যেন ছয় মাসের ছেলের মতো বড়। প্রতিবেশী লাহাবাবুদের বাড়ি থেকে তখন প্রসন্ন প্রমুখ চন্দ্রাদেবীর দু-চারজন বয়স্যা খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে—ধনী তাদের কাছে এ সংবাদ ঘোষণা করল এবং পূতগম্ভীর ব্রাহ্মমুহূর্তে শ্রীযুক্ত ক্ষুদিরামের তপস্বী দরিদ্র কুটির শুভ শঙ্খারাবে পূর্ণ হয়ে মহাপুরুষের শুভাগমনবার্তা সংসারে প্রচার করল।
তারপর শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম নবাগত বালকের জন্মলগ্ন নিরূপণ করতে গিয়ে দেখলেন, জাতক বিশেষ শুভক্ষণে সংসারে প্রবেশ করেছে। দেখলেন –
গদাধরের শুভ জন্ম–মুহূর্ত সম্বন্ধে জ্যোতিষশাস্ত্রের কথা
সেদিন সন ১২৪২ সালের অথবা ১৭৫৭ শকাব্দের ৬ই ফাল্গুন, ইংরেজি ১৮৩৬ খ্রিস্টাব্দের ১৭ই ফেব্রুয়ারি, শুক্লপক্ষ, বুধবার। রাত্রির একত্রিশ দণ্ড কেটে গিয়ে মাত্র অর্ধদণ্ড বাকি থাকতে বালক জন্মগ্রহণ করেছে। শুভা দ্বিতীয়া তিথি সেই সময়ে পূর্বভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে সংযুক্ত হয়ে সংসারে সিদ্ধিযোগ এনেছিল। বালকের জন্মলগ্নে রবি, চন্দ্র ও বুধ একত্র মিলিত হয়েছে এবং শুক্র, মঙ্গল ও শনি তুঙ্গস্থান অধিকার করে তার অসাধারণ জীবনের পরিচায়ক হয়ে আছে। আবার মহামুনি পরাশরের মত অবলম্বন করলে রাহু ও কেতু গ্রহ দুটিকে তাঁর জন্মকালে তুঙ্গস্থ দেখা যায়। তা ছাড়া, তুঙ্গাভিলাষী বৃহস্পতি বালকের অদৃষ্টের উপর বিশেষ শুভ প্রভাব বিস্তার করছে।
গদাধরের রাশ্যাশ্রিত নাম
অতঃপর বিশিষ্ট জ্যোতির্বিদেরা নবজাত বালকের জন্মক্ষণ পরীক্ষা করে শ্রীযুক্ত ক্ষুদিরামকে বললেন, জাতক যেমন উচ্চলগ্নে জন্মগ্রহণ করেছে, তেমন লগ্ন সম্বন্ধে জ্যোতিষশাস্ত্র নিঃসন্দেহে বলে যে, এমন ব্যক্তি ধর্মবিৎ ও মাননীয় হবেন এবং সর্বদা পুণ্যকর্মের অনুষ্ঠানে রত থাকবেন। বহুশিষ্যপরিবৃত হয়ে সেই ব্যক্তি দেবমন্দিরে বাস করবেন, এবং নবীন ধর্মসম্প্রদায় প্রবর্তন করে নারায়ণাংশসম্ভূত মহাপুরুষ বলে জগতে প্রসিদ্ধি লাভ করবেন ও সর্বত্র সকল লোকের পূজ্য হবেন।[1] শ্রীযুক্ত ক্ষুদিরামের মন এতে বিস্ময়ে ভরে গেল। তিনি কৃতজ্ঞহৃদয়ে ভাবতে লাগলেন, ৺গয়াধামে তিনি যে দেবস্বপ্ন দর্শন করেছিলেন, তা সত্যি সত্যিই পূর্ণ হল। তারপর জাতকর্ম শেষ করে বালকের রাশ্যাশ্রিত নাম শ্রীযুক্ত শম্ভুচন্দ্র স্থির করলেন এবং ৺গয়াধামে থাকার সময় দেখা নিজের বিচিত্র স্বপ্নের কথা স্মরণ করে তাঁকে সর্বজনসমক্ষে শ্রীযুক্ত গদাধর নামে অভিহিত করতে মনস্থ করলেন।
গদাধরের জন্মকুণ্ডলী
পাঠকের বোঝার সুবিধার জন্য আমরা শ্রীরামকৃষ্ণদেবের বিচিত্র জন্মকুণ্ডলীর[2] সঙ্গে তাঁর কোষ্ঠীর কিছু অংশ নিচে দিচ্ছি। জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ পাঠক তা দেখে বুঝতে পারবেন, এই কোষ্ঠী ভগবান শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীশঙ্কর ও শ্রীকৃষ্ণচৈতন্যাদি অবতারপ্রথিত পুরুষদের চেয়ে কোনো অংশে হীন নয়।
গদাধরের জন্মপত্রিকার কিছু অংশ
শুভমস্তু। শক-নরপতেরতীতাব্দাদয়ঃ ১৭৫৭।১০।৫।৫৯।২৮।২৯ সন ১২৪২ সাল, ৬ই ফাল্গুন, বুধবার, রাত্রি অবসানে (অর্ধদণ্ড রাত্রি থাকিতে) কুম্ভলগ্নে প্রথম নবাংশে জন্ম। কুম্ভরাশি, পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রথম পাদে জন্ম। রাত্রিজাত দণ্ডাদিঃ ৩১।০।১৪, সূর্যোদয়াদিষ্ট দণ্ডাদিঃ ৫৯।২৮।২৯, অক্ষাংশ ২২।৩৪, পলভা ৫।১।৫।১০।

চান্দ্রফাল্গুনস্য শুক্লপক্ষীয়-দ্বিতীয়া জন্মতিথিঃ।
পূর্বভাদ্রপদ-নক্ষত্র-মানং ৬০।১৫।০
তস্য ভোগ্যদণ্ডাদিঃ ৫২।১২।৩১
ভুক্ত-দণ্ডাদিঃ ৮।২।২৯
(শকাব্দা ১৭৫৭), এতচ্ছকীয় সৌর-ফাল্গুনস্য ষষ্ঠ-দিবসে, বুধবাসরে, শুক্লপক্ষীয়-দ্বিতীয়ায়াং তিথৌ, পূর্বভাদ্রপদ-নক্ষত্রস্য প্রথমচরণে সিদ্ধিযোগে, বালবকরণে এবং পঞ্চাঙ্গ-সংশুদ্ধৌ, রাত্রি চতুর্দশ-বিপলাধিকৈকত্রিংশদ্দণ্ড-সময়ে অয়নাংশোদ্ভব-শুভ-কুম্ভলগ্নে (লগ্নস্ফুট-রাশ্যাদি ১০।৩।১´৯।´৫´৩।´২´০), শনৈশ্চরস্য ক্ষেত্রে, সূর্যস্য হোরায়াং সূর্যসুতস্য দ্রেক্কাণে, শুক্রস্য নবাংশে, বৃহস্পতের্দ্বাদশাংশে, কুজস্য ত্রিংশাংশে এবং ষড়্বর্গ পরিশোধিতে পূর্বভাদ্রপদনক্ষত্রাশ্রিতকুম্ভরাশিস্থিতে চন্দ্রে বুধস্য যামার্ধে, জীবস্য দণ্ডে, কোণস্থে গুরৌ কেন্দ্রস্থে বুধে চন্দ্রে চ লগ্নস্থে চন্দ্রে, ত্রিগ্রহযোগে, ধর্মকর্মাধিপয়োঃ শুক্রভৌময়োঃ তুঙ্গস্থিতয়োঃ, বর্গোত্তমস্থে লগ্নাধিপে শনৌ চ তুঙ্গে, পরাশরমতেন তু রাহুকেতোস্তুঙ্গস্থয়োঃ (যতঃ উক্তং, ‘রাহোস্তু বৃষভং কেতোর্বৃশ্চিকং তুঙ্গসঙ্গিতম্’ ইত্যাদিপ্রমাণাৎ) অতএব উচ্চস্থে গ্রহপঞ্চকে, অসাধারণ পুণ্যভাগ্যযোগে, শুক্লপক্ষে নিশিজন্মহেতোঃ বিংশোত্তরী দশাধিকারে জন্ম, এতেন বৃহস্পতের্দশায়াং, তথা দেশভেদেন দশাধিকারনিয়মাচ্চ অষ্টোত্তরীয়-রাহোর্দশায়াং, অশেষগুণালঙ্কৃত-স্বধর্মনিষ্ঠ-ক্ষুদিরাম চট্টোপাধ্যায়-মহোদয়স্য (সহধর্মিণী-দয়াবতী-চন্দ্রমণি-দেবী-মহোদয়ায়াঃ গর্ভে) শুভ তৃতীয়পুত্রঃ সমজনি। তস্য রাশ্যাশ্রিতং নাম শম্ভুরাম দেবশর্মা। প্রসিদ্ধনাম গদাধর চট্টোপাধ্যায়ঃ। সাধনাসিদ্ধিপ্রাপ্ত-জগদ্বিখ্যাতনাম শ্রীরামকৃষ্ণপরমহংসদেব-মহোদয়ঃ।”[3]
তারপর প্রিয়দর্শন পুত্রের মুখ দর্শন করে এবং তার অসাধারণ ভাগ্যের কথা শুনে শ্রীযুক্ত ক্ষুদিরাম ও শ্রীমতী চন্দ্রমণি নিজেদের কৃতার্থ মনে করলেন এবং যথাকালে তার নিষ্ক্রামণ ও নামকরণাদি সম্পন্ন করে অশেষ যত্নে তার লালনপালনে মন দিলেন।
_________________________________________________
[1] ধর্মস্থানাধিপে তুঙ্গে ধর্মস্থে তুঙ্গখেচরে।
গুরুণা দৃষ্টিসংযোগে লগ্নেশে ধর্মসংস্থিতে।।
কেন্দ্রস্থানগতে সৌম্যে গুরৌ চৈব তু কোণভে।
স্থিরলগ্নে যদা জন্ম সম্প্রদায়প্রভুঃ হি সঃ।।
ধর্মবিন্মাননীয়স্তু পুণ্যকর্মরতঃ সদা।
দেবমন্দিরবাসী চ বহুশিষ্যসমন্বিতঃ।।
মহাপুরুষসংজ্ঞোঽয়ং নারায়ণাংশসম্ভবঃ।
সর্বত্র জনপূজ্যশ্চ ভবিষ্যতি ন সংশয়ঃ।।
ইতি ভৃগুসংহিতায়াং সম্প্রদায়প্রভুযোগঃ তৎফলঞ্চ।
শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ-কৃত ঠাকুরের জন্মকোষ্ঠী থেকে এই বচন উদ্ধৃত হল।
[2] ঠাকুরের জন্মকাল সম্বন্ধে কয়েকটি কথা আমরা এখানে পাঠককে বলা আবশ্যক মনে করছি। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে যাতায়াত করার সময় আমরা অনেকে তাঁকে বলতে শুনেছিলাম, 'তাঁর যথার্থ জন্মপত্রিকা হারিয়ে গিয়েছে এবং তার জায়গায় বহুকাল পরে যে জন্মপত্রিকা করানো হয়েছে, তা ভ্রমপ্রমাদপূর্ণ।' তাঁর কাছে আমরা এ কথাও বহুবার শুনেছি যে, তাঁর জন্ম 'ফাল্গুন মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে হয়েছিল, সেদিন বুধবার ছিল।' তাঁর কুম্ভরাশি এবং তাঁর 'জন্মলগ্নে রবি, চন্দ্র ও বুধ ছিল।' 'লীলাপ্রসঙ্গ' লেখার সময় তাঁর জীবনের ঘটনাবলির যথাযথ সাল-তারিখ নির্ণয় করতে গিয়ে আমরা শেষোক্ত জন্মপত্রিকাখানি আনিয়ে দেখি, তাতে তাঁর জন্মকাল সম্বন্ধে এরকম লেখা আছে যে, 'শক ১৭৫৬।১০।৯।৫৯।১২ ফাল্গুনস্য দশমদিবসে বুধবাসরে গৌরপক্ষে দ্বিতীয়ায়াং তিথৌ পূর্বভাদ্রনক্ষত্রে' তাঁর জন্ম হয়েছিল। সেই সালের পঞ্জিকা আনিয়ে দেখা গেল, ওই কোষ্ঠীতে উল্লিখিত সালের সেই দিনে কৃষ্ণপক্ষ নবমী তিথি এবং শুক্রবার ছিল। সুতরাং ওই জন্মপত্রিকাখানিকে ঠাকুর কেন ভ্রমপূর্ণ বলতেন, তা বুঝতে পেরে সেটি ত্যাগ করে পুরোনো পঞ্জিকাগুলিতে খুঁজতে লাগলাম, কোন শকের ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়ায় বুধবার পড়েছে এবং রবি, চন্দ্র ও বুধ কুম্ভরাশিতে একত্র মিলিত হয়েছে। অনুসন্ধানের ফলে এমন দুটি দিন পাওয়া গেল, একটি ১৭৫৪ শকে এবং দ্বিতীয়টি ১৭৫৭ শকে। এ দুটির মধ্যে প্রথমটিকে আমরা ত্যাগ করলাম। কারণ ১৭৫৪ শককে ঠাকুরের জন্মকাল বলে নির্ণয় করলে, তাঁর মুখে নিজের বয়স সম্বন্ধে যা শুনেছি, তার চেয়ে ৩ বছর ২ মাস বাড়িয়ে তাঁর আয়ু গণনা করতে হয়। পক্ষান্তরে, ১৭৫৭ শককে তাঁর জন্মকাল বলে নির্ণয় করলে, তাঁর জীবৎকালে দক্ষিণেশ্বরে ভক্তেরা যে জন্মোৎসব করতেন, সে সময়ে তিনি নিজের বয়স যা ধরতেন, তা বাড়িয়ে তাঁর পরমায়ু গণনা করতে হয় না। শুধু তাই নয়, আমরা বিশ্বস্তসূত্রে শুনেছি, ঠাকুরের বিবাহের সময় তাঁর বয়স ২৪ বছর এবং শ্রীশ্রীমাতাঠাকুরানীর বয়স মাত্র ৫ বছর ছিল - সে বিষয়েও কোনো হেরফের করতে হয় না। তা ছাড়া, ঠাকুর দেহরক্ষা করলে সমবেত ভক্তেরা কাশীপুর-শ্মশানের মৃত্যু-নির্ণায়ক (রেজিস্টারি) খাতায় তাঁর বয়স ৫১ বছর লিখিয়ে দিয়েছিলেন - তারও কোনো পরিবর্তন করতে হয়নি। এসব কারণে আমরা ১৭৫৭ শককেই ঠাকুরের জন্মকাল বলে স্থির করলাম।
এতেই আমরা ক্ষান্ত হইনি; কলিকাতা, বহুবাজার, ২ নম্বর রাসবিহারী ঠাকুর লেন-নিবাসী শ্রীযুক্ত শশিভূষণ ভট্টাচার্যের নষ্ট কোষ্ঠী-উদ্ধারের অসাধারণ ক্ষমতার কথা জানতে পেরে তাঁর কাছে শ্রীশ্রীমাতাঠাকুরানীর জন্মকুণ্ডলী পাঠাই এবং তা দেখে গণনা করে ঠাকুরের জন্মকুণ্ডলী নির্ণয় করে দিতে অনুরোধ করি। তিনিও তা গণনা করে ১৭৫৭ শককেই ঠাকুরের জন্মকাল বলে স্থির করেন।
১৭৫৭ শকে বা সন ১২৪২ সালেই যে ঠাকুরের জন্ম হয়েছিল, এভাবে সে বিষয়ে দৃঢ়নিশ্চয় হয়ে আমরা শ্রদ্ধাস্পদ পণ্ডিত শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ মহাশয়কে সেই অনুসারে ঠাকুরের জন্মকোষ্ঠী গণনা করে দিতে অনুরোধ করি এবং তিনি বহু পরিশ্রমে তা সম্পন্ন করে আমাদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেন।
ঠাকুরের ব্রাহ্মমুহূর্তে জন্মের কথা আমরা কেবলমাত্র কোষ্ঠীগণনায় স্থির করিনি; ঠাকুরের পরিবারের লোকজনের মুখে শোনা এই ঘটনা থেকেও নির্ণয় করেছি। তাঁরা বলেন, ঠাকুর জন্মগ্রহণ করার ঠিক পরে হড়কে আঁতুড়ঘরের ধান সেদ্ধ করার চুল্লির ভিতর পড়ে ভস্মাচ্ছাদিত হয়েছিলেন। সদ্যোজাত শিশুর যে এমন অবস্থা হয়েছে, তা অন্ধকারে বোঝা যায়নি। পরে আলো এনে খুঁজে তাঁকে সেই চুল্লির ভিতর থেকে বের করা হয়েছিল।
সে যা হোক, ১৭৫৭ শকের ফাল্গুন মাসের দ্বিতীয়ায় ঠাকুরের জন্ম কেমন অদ্ভুত লগ্নে হয়েছিল, তা শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ-কৃত তাঁর কোষ্ঠী দেখলে সম্যক উপলব্ধি করা যায়। সেই সঙ্গে ঠাকুরের অলৌকিক জীবন-ঘটনাগুলি কোষ্ঠীর সঙ্গে মিলিয়ে দেখলে এও স্পষ্ট বোঝা যায় যে, ভারতের জ্যোতিষশাস্ত্র যথার্থই সত্যের উপর প্রতিষ্ঠিত।
পরিশেষে এও বলার আছে যে, ঠাকুরের ভ্রমপূর্ণ পুরোনো কোষ্ঠী, শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ-কৃত তাঁর বিশুদ্ধ কোষ্ঠী এবং শ্রীযুক্ত শশিভূষণ ভট্টাচার্য শ্রীশ্রীমাতাঠাকুরানীর জন্মকুণ্ডলী দেখে গণনা করে ঠাকুরের যে জন্মকুণ্ডলী প্রস্তুত করে দেন, সে সবই বেলুড় মঠে সযত্নে রক্ষিত আছে।
[3] শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণ-কৃত ঠাকুরের জন্মকোষ্ঠী থেকে ওই অংশ উদ্ধৃত হল।
রামচাঁদের গাভীদান
শাস্ত্রে আছে, শ্রীরাম শ্রীকৃষ্ণ প্রভৃতি অবতারপুরুষদের জনক-জননী, তাঁদের জন্মগ্রহণ করার আগে ও পরে নানারকম দিব্যদর্শন লাভ করে তাঁদের দেবরক্ষিত বলে হৃদয়ঙ্গম করলেও পরক্ষণেই অপত্যস্নেহের বশবর্তী হয়ে সে কথা ভুলে যেতেন এবং তাঁদের পালন ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বদা চিন্তিত থাকতেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাঁর গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবীর সম্বন্ধেও সেই কথা বলা যায়। কারণ, তাঁরাও প্রিয়দর্শন বালকের মুখকমল দেখে ৺গয়াক্ষেত্রের দেবস্বপ্ন, শিবমন্দিরের দিব্যদর্শন প্রভৃতির কথা এবার অনেকাংশে ভুলে গেলেন এবং তার যথাযথ পালন ও রক্ষণের জন্য চিন্তিত হয়ে নানা উপায় উদ্ভাবন করতে লাগলেন। উপার্জনক্ষম ভাগনে শ্রীযুক্ত রামচাঁদের কাছে মেদিনীপুরে পুত্রের জন্মসংবাদ পাঠানো হল। মামার দরিদ্র সংসারে দুধের অভাব হতে পারে বুঝে তিনি একটি দুধেল গাভী পাঠিয়ে শ্রীযুক্ত ক্ষুদিরামের সে চিন্তা দূর করলেন। এমন করে নবজাত শিশুর জন্য যখন যে জিনিসের প্রয়োজন হল, তখনই তা নানাদিক থেকে অভাবনীয় উপায়ে জুটে গেলেও শ্রীযুক্ত ক্ষুদিরাম ও চন্দ্রাদেবীর চিন্তার বিরাম হল না। এভাবে দিনের পর দিন যেতে লাগল।
গদাধরের মোহিনীশক্তি
এদিকে নবজাত বালকের চিত্তাকর্ষণ-শক্তি দিন দিন বেড়ে জনক-জননীর উপরে নিজের প্রভাব বিস্তার করেই ক্ষান্ত হল না, পরিবারের সকলের এবং পাড়ার রমণীদের উপরেও নিজের আধিপত্য ধীরে ধীরে স্থাপন করে বসল। পাড়ার রমণীরা তখন অবসর সময়ে রোজ শ্রীমতী চন্দ্রাকে দেখতে আসতেন এবং কারণ জিজ্ঞাসা করলে বলতেন, ‘তোমার ছেলেটিকে রোজ দেখতে ইচ্ছা করে, তা কী করি বলো; রোজই আসতে হয়!’ নিকটবর্তী গ্রামগুলি থেকে আত্মীয়া রমণীরাও সেই কারণে শ্রীযুক্ত ক্ষুদিরামের দরিদ্র কুটিরে তখন থেকে আগের চেয়ে ঘন ঘন আসতে লাগলেন। এভাবে সকলের আদরযত্নে সুখে পালিত হয়ে নবাগত শিশু ক্রমে পাঁচ মাস পার করল এবং তার অন্নপ্রাশনের সময় হল।
অন্নপ্রাশনকালে ধর্মদাস লাহার সাহায্য
পুত্রের অন্নপ্রাশনে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজের অবস্থা অনুযায়ী ব্যবস্থাই প্রথমে ঠিক করেছিলেন। তিনি ভেবেছিলেন, শাস্ত্রবিহিত ক্রিয়া সমাপন করে ৺রঘুবীরের প্রসাদী অন্ন পুত্রের মুখে দিয়ে কাজটি শেষ করবেন এবং সেই উপলক্ষ্যে দু-চারজন নিকট আত্মীয়কেই নিমন্ত্রণ করবেন—কিন্তু ঘটনা অন্যরকম হয়ে দাঁড়াল। তাঁর পরম বন্ধু গ্রামের জমিদার শ্রীযুক্ত ধর্মদাস লাহার গুপ্ত প্রেরণায় পাড়ার প্রবীণ ব্রাহ্মণ সজ্জনেরা এসে তাঁকে সহসা ধরে বসলেন, পুত্রের অন্নপ্রাশনের দিন তাঁদের খাওয়াতে হবে। তাঁদের এমন অনুরোধে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজেকে বিশেষ বিপন্ন বোধ করলেন। কারণ, পাড়ার সকলেই তাঁকে বিশেষ শ্রদ্ধা-ভক্তি করতেন, এখন তাঁদের মধ্যে কাকে রেখে কাকে আমন্ত্রণ করবেন তা তিনি ভেবে পেলেন না। আবার তাঁদের সকলকে বলার সামর্থ্য তাঁর কোথায়? সুতরাং ‘যা করেন ৺রঘুবীর’ বলে তিনি শ্রীযুক্ত ধর্মদাসের সঙ্গে পরামর্শ করে ব্যাপারটি ঠিক করতে এলেন এবং বন্ধুর অভিপ্রায় বুঝতে পেরে তাঁরই উপর সেই কার্যভার দিয়ে বাড়ি ফিরলেন। শ্রীযুক্ত ধর্মদাসও খুশিমনে অনেকাংশে নিজের খরচে সব বিষয়ের বন্দোবস্ত করে কাজটি সুসম্পন্ন করে দিলেন। আমরা শুনেছি, এভাবে গদাধরের অন্নপ্রাশন উপলক্ষ্যে পাড়ার ব্রাহ্মণ ও ব্রাহ্মণেতর সকল জাতিই শ্রীযুক্ত ক্ষুদিরামের কুটিরে এসে ৺রঘুবীরের প্রসাদ পেয়ে পরিতৃপ্ত হয়েছিলেন এবং সেই সঙ্গে অনেক দরিদ্র ভিক্ষুকও তেমনই পরিতৃপ্তি লাভ করে তাঁর তনয়ের দীর্ঘজীবন ও মঙ্গল কামনা করে গিয়েছিল।
এই সময়ে চন্দ্রাদেবীর দিব্যদর্শন–শক্তির প্রকাশ
দিন যাওয়ার সঙ্গে সঙ্গে গদাধরের বালচেষ্টাগুলি মধুরতর হয়ে উঠে চন্দ্রাদেবীর হৃদয়কে আনন্দ ও ভয়ের পুণ্য-প্রয়াগে পরিণত করল। পুত্র জন্মানোর আগে যিনি দেবতাদের কাছে কোনো কিছু প্রার্থনা করে নেওয়ার জন্য ব্যগ্র হতেন না, সেই তিনিই তখন প্রতিদিন তনয়ের কল্যাণকামনায় শতবার, সহস্রবার জ্ঞাত ও অজ্ঞাতসারে তাঁর মাতৃহৃদয়ের সকরুণ নিবেদন তাঁদের চরণে অর্পণ করেও সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারতেন না। এভাবে তনয়ের কল্যাণ ও রক্ষণাবেক্ষণ শ্রীমতী চন্দ্রার ধ্যান-জ্ঞান হয়ে তাঁর আগের দিব্যদর্শনশক্তিকে যে তখন ঢেকে ফেলবে, তা সহজেই বোঝা যায়। তবু সেই শক্তির সামান্য প্রকাশ তাঁর ভিতরে তখনও মধ্যে মধ্যে দেখা দিয়ে তাঁকে কখনও বিস্ময়ে এবং কখনও বা পুত্রের ভাবী অমঙ্গল-আশঙ্কায় পূর্ণ করত। এ বিষয়ে একটি ঘটনা আমরা অতি বিশ্বস্তসূত্রে শুনেছি; সেটি এখানে বললে পাঠক ওই কথা সহজে বুঝতে পারবেন। ঘটনাটি হয়েছিল এইরকম –
এ বিষয়ের ঘটনা—গদাধরকে বড় দেখা
গদাধরের বয়স তখন সাত-আট মাস হবে। শ্রীমতী চন্দ্রা একদিন সকালে তাকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন। কিছুক্ষণ পরে পুত্র ঘুমিয়ে পড়েছে দেখে মশার কামড় থেকে বাঁচানোর জন্য তিনি তাকে মশারির মধ্যে শুইয়ে দিলেন; তারপর ঘরের বাইরে গিয়ে গৃহকর্মে মন দিলেন। কিছু সময় পরে কোনো প্রয়োজনে সেই ঘরে সহসা প্রবেশ করে তিনি দেখলেন, মশারির মধ্যে পুত্র নেই, তার জায়গায় এক দীর্ঘকায় অপরিচিত পুরুষ মশারি জুড়ে শুয়ে রয়েছে। বিষম আশঙ্কায় চন্দ্রা চিৎকার করে উঠলেন এবং দ্রুত পায়ে ঘরের বাইরে এসে স্বামীকে ডাকতে লাগলেন। তিনি এলে চন্দ্রা তাঁকে সে কথা বলতে বলতে তাঁর সঙ্গে আবার ঘরে ঢুকলেন এবং দুজনে দেখলেন, কেউ কোথাও নেই, বালক যেমন ঘুমোচ্ছিল তেমনই ঘুমোচ্ছে। শ্রীমতী চন্দ্রার তাতেও ভয় দূর হল না। তিনি বারবার বলতে লাগলেন, “নিশ্চয়ই কোনো উপদেবতার জন্যই এমন হয়েছে; কারণ আমি স্পষ্ট দেখেছি ছেলের জায়গায় এক দীর্ঘাকার পুরুষ শুয়ে ছিল; আমার একটুও ভুল হয়নি এবং হঠাৎ অমন ভুল হওয়ার কোনো কারণও নেই; তাই শিগগির একজন বিজ্ঞ রোজা আনিয়ে সন্তানকে দেখাও, নইলে কে জানে, এই ঘটনায় ছেলের কোনো অনিষ্ট হবে কি না!” শ্রীযুক্ত ক্ষুদিরাম তখন তাঁকে আশ্বাস দিয়ে বললেন, “যে পুত্রের জন্মের আগে থেকে আমরা নানা দিব্যদর্শন লাভ করে ধন্য হয়েছি, তার সম্বন্ধে এখনও ওরকম কিছু দেখা বিচিত্র নয়; অতএব তা অপদেবতার কাজ—এ কথা তুমি মনে কখনও স্থান দিও না, বিশেষত, বাড়িতে ৺রঘুবীর স্বয়ং বিদ্যমান; উপদেবতারা এখানে কি কখনও সন্তানের অনিষ্ট করতে পারে? অতএব নিশ্চিন্ত হও এবং এ কথা অন্য কাউকে আর বোলো না। জেনো ৺রঘুবীর সন্তানকে সর্বদা রক্ষা করছেন।” শ্রীমতী চন্দ্রা স্বামীর এই কথায় তখন আশ্বস্ত হলেন বটে, কিন্তু পুত্রের অমঙ্গল-আশঙ্কার ছায়া তাঁর মন থেকে সম্পূর্ণ সরে গেল না। তিনি কৃতাঞ্জলিপুটে তাঁর প্রাণের বেদনা সেদিন অনেকক্ষণ ধরে কুলদেবতা ৺রঘুবীরকে নিবেদন করলেন।
গদাধরের কনিষ্ঠা ভগ্নী সর্বমঙ্গলা
আনন্দে, আবেগে, উৎসাহে, আশঙ্কায় এভাবে শ্রীযুক্ত গদাধরের জনক-জননীর দিন যেতে লাগল এবং বালক প্রথম দিন থেকে তাঁদের ও অন্য সকলের মনে যে মধুর আধিপত্য বিস্তার করেছিল, তা দিন দিন দৃঢ় ও ঘনীভূত হতে লাগল। ক্রমে চার-পাঁচ বছর কেটে গেল; ঘটনা বলতে এই যে, এর মধ্যে কোনো সময়ে শ্রীযুক্ত ক্ষুদিরামের সর্বমঙ্গলা নামে কনিষ্ঠা কন্যা জন্মগ্রহণ করেছিল।
গদাধরের বিদ্যারম্ভ
এই সময়ে শ্রীযুক্ত ক্ষুদিরাম বিস্ময়ে ও আনন্দে দেখেছিলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বালক গদাধরের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ হচ্ছে। কারণ চঞ্চল বালককে কোলে করে তিনি যখন নিজের পূর্বপুরুষদের নামাবলি, দেবদেবীর ছোট ছোট স্তোত্র ও প্রণামাদি, অথবা রামায়ণ, মহাভারত থেকে কোনো বিচিত্র উপাখ্যান তাকে শোনাতে বসতেন, তখন দেখতেন, মাত্র একবার শুনেই তার অধিকাংশ সে আয়ত্ত করেছে! আবার বহুদিন পরে তিনি তাকে জিজ্ঞাসা করে দেখতেন, সে ওইসব আগের মতোই আবৃত্তি করতে পারে। সেই সঙ্গে তিনি এ পরিচয়ও পেয়েছিলেন যে, বালকের মন কতকগুলি বিষয়কে যেমন আগ্রহের সঙ্গে গ্রহণ ও ধারণা করে, অন্য কতকগুলি বিষয় সম্বন্ধে আবার তেমনই উদাসীন থাকে—সহস্র চেষ্টাতেও সেসবে তার অনুরাগ অঙ্কুরিত হয় না। গণিতশাস্ত্রের নামতা প্রভৃতি শেখাতে গিয়ে তিনি তার আভাস পেয়ে ভেবেছিলেন, চপলমতি বালককে এত অল্প বয়সে সেসব শেখানোর জন্য পীড়াপীড়ি করার দরকার নেই। কিন্তু সে অত্যধিক চঞ্চল হচ্ছে দেখে পাঁচ বছরে পা দিতেই তিনি তার যথাশাস্ত্র বিদ্যারম্ভ করিয়ে দিলেন এবং তাকে পাঠশালে পাঠাতে লাগলেন। বালক এতে সমবয়স্ক সঙ্গীদের সঙ্গে পরিচিত হয়ে বিশেষ সুখী হল এবং সপ্রেম ব্যবহারে শিগগিরই তাদের এবং শিক্ষকের প্রিয় হয়ে উঠল।
লাহাবাবুদের পাঠশালা
গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ির সামনের বিস্তৃত নাট্যমণ্ডপে পাঠশালা বসত এবং প্রধানত তাঁদের খরচেই একজন সরকার বা গুরুমহাশয় নিযুক্ত হয়ে তাঁদের ও নিকটস্থ গৃহস্থদের ছেলেদের পড়াতেন। বস্তুত পাঠশালাটি একরকম লাহাবাবুরাই পাড়ার বালকদের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটি ছিল শ্রীযুক্ত ক্ষুদিরামের কুটিরের অনতিদূরে। প্রতিদিন সকালে ও বিকেলে দুবার করে পাঠশালা খোলা হত। ছাত্ররা সকালে এসে দু-তিন ঘণ্টা পড়ে স্নানাহার করতে যে যার বাড়িতে চলে যেত এবং বিকেলে তিন-চারটের সময় আবার জড়ো হয়ে সন্ধ্যার আগে পর্যন্ত পড়াশোনা করে বাড়ি ফিরত। গদাধরের মতো অল্পবয়স্ক ছাত্রদের অবশ্য এত বেশি সময় পড়াশোনা করতে হত না, কিন্তু সেখানে হাজির থাকতে হত। সুতরাং পড়ার সময় পড়া সেরে তারা সেখানে বসে থাকত এবং কখনও বা সঙ্গীদের সঙ্গে তার আশপাশেই খেলা করত। পাঠশালার পুরোনো ছাত্রেরা আবার নতুন ছাত্রদের পড়া বলে দিত এবং নতুনেরা পুরোনো পড়া রোজ অভ্যাস করে কি না, তা দেখত।
এভাবে মাত্র একজন শিক্ষক নিযুক্ত থাকলেও পাঠশালার কাজ সুচারুভাবে চলে যেত। গদাধর যখন পাঠশালে প্রথম ঢোকে, তখন শ্রীযুক্ত যদুনাথ সরকার সেখানে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। তার কিছুকাল পরে তিনি নানা কারণে সেই কাজ থেকে অবসর নিয়েছিলেন এবং শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ সরকার নামে এক ব্যক্তি তাঁর স্থলাভিষিক্ত হয়ে পাঠশালার কার্যভার গ্রহণ করেছিলেন।
বালকের বিচিত্র চরিত্র সম্বন্ধে ক্ষুদিরামের অভিজ্ঞতা
বালকের জন্মের আগে শ্রীযুক্ত ক্ষুদিরাম তার মহৎ জীবনের পরিচায়ক-স্বরূপ যে-সব অদ্ভুত স্বপ্ন ও দর্শনাদি লাভ করেছিলেন, সেগুলি তাঁর মনে চিরকালের জন্য দৃঢ়াঙ্কিত হয়ে গিয়েছিল। সুতরাং বালকসুলভ চপলতায় সে এই সময়ে কোনোরকম অশিষ্ট আচরণ করছে দেখলেও তিনি তাকে মৃদু কথায় নিষেধ করা ছাড়া কখনও কঠোরভাবে দমন করতে পারতেন না। কারণ, সকলের ভালোবাসা পেয়েই হোক বা নিজের স্বভাবগুণেই হোক, তার মধ্যে তিনি তখন সময়ে সময়ে অবাধ্যতার পরিচয় পেতেন। কিন্তু সেজন্য অন্য পিতামাতাদের মতো তাকে কখনও শাসন করা তো দূরের কথা, তিনি ভাবতেন, এই অবাধ্যতাই বালককে ভবিষ্যতে বিশেষভাবে উন্নত করবে। এমন ভাবার যথেষ্ট কারণও ছিল। কেননা, তিনি দেখতেন, দুরন্ত বালক কখনও কখনও পাঠশালায় না গিয়ে সঙ্গীদের নিয়ে গ্রামের বাইরে খেলায় মেতে থাকলে অথবা কাউকে না বলে কাছাকাছি কোথাও যাত্রাগান শুনতে গেলেও, যখন যা ধরত, তা শেষ না করে থামত না; মিথ্যা বলে নিজের করা কোনো কাজ কখনও ঢাকতে চেষ্টা করত না এবং সর্বোপরি তার প্রেমপূর্ণ হৃদয় তাকে কখনও কারও অনিষ্ট করার দিকে টানত না। তা হলেও কিন্তু এক বিষয়ের জন্য শ্রীযুক্ত ক্ষুদিরাম কিছু চিন্তিত হয়েছিলেন। তিনি দেখেছিলেন, হৃদয় স্পর্শ করে এমনভাবে কোনো কথা বলতে না পারলে তা বিধি বা নিষেধ যা-ই হোক না কেন, বালক তার কিছুমাত্র গ্রহণ করা তো দূরের কথা, সর্বদা তার বিপরীত আচরণ করে বসে। এটা তার সব বিষয়ের কারণ জানতে চাওয়ারই পরিচায়ক হলেও সংসারের সর্বত্র বিপরীত রীতিই চলছে দেখে তিনি ভেবেছিলেন, কেউই বালককে এভাবে সব বিষয়ের কারণ দেখিয়ে তার কৌতূহল পরিতৃপ্ত করবে না এবং সেজন্য অনেক সময়ে সে সদ্বিধিগুলি মেনে না চলতেও পারে। এই সময়ের একটি ছোট ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের মনে বালকের সম্বন্ধে ওই চিন্তাগুলি জেগেছিল এবং তখন থেকে তিনি তার মনের এই প্রকৃতি বুঝে তাকে সতর্কভাবে শিক্ষা দিতে আরম্ভ করেছিলেন। ঘটনাটি এই –
এ বিষয়ের ঘটনা
শ্রীযুক্ত ক্ষুদিরামের বাড়ির প্রায় পাশেই হালদারপুকুর নামে একটি সুবৃহৎ পুকুর আছে। পাড়ার সকলে তার স্বচ্ছ জল স্নান, পান ও রান্নাবান্নার কাজে লাগাত। স্নানের জন্য স্ত্রী ও পুরুষের আলাদা দুটি ঘাট ঠিক করা ছিল। গদাধরের মতো অল্পবয়স্ক বালকেরা স্নান করতে অনেক সময়ে স্ত্রীলোকদের জন্য নির্দিষ্ট ঘাটে যেত। দু-চারজন বন্ধুর সঙ্গে গদাধর একদিন সেই ঘাটে স্নান করতে এসে জলে লাফালাফি করে আর সাঁতার কেটে বিষম গণ্ডগোল আরম্ভ করল। এতে স্নান করতে আসা স্ত্রীলোকদের অসুবিধা হতে লাগল। সন্ধ্যাহ্নিকে বসা বর্ষীয়সী রমণীদের গায়ে জলের ছিটে লাগায় তাঁরা নিষেধ করলেন, কিন্তু বালকদের শান্ত করতে পারলেন না। তখন তাঁদের মধ্যে একজন বিরক্ত হয়ে তাদের তিরস্কার করে বললেন, “তোরা এ ঘাটে কী করতে আসিস? পুরুষদের ঘাটে যেতে পারিস্ না? এ ঘাটে স্ত্রীলোকেরা স্নানান্তে পরিধেয় বসনাদি ধৌত করে। জানিস্ না, স্ত্রীলোকদের উলঙ্গিনী দেখতে নেই?” গদাধর তাঁকে জিজ্ঞাসা করল, “কেন দেখতে নেই?” তা শুনে তিনি তার বোঝার মতো কোনো কারণ না দেখিয়ে তাকে আরও তিরস্কার করতে লাগলেন। তাঁরা বিরক্ত হয়েছেন এবং বাড়িতে বাবা-মাকে বলে দেবেন ভেবে বালকেরা তখন অনেকটা থামল। গদাধর কিন্তু এতে মনে মনে অন্যরকম সংকল্প করল। সে দুই-তিন দিন রমণীদের স্নানের সময় পুকুরের পাড়ে গাছের আড়ালে লুকিয়ে থেকে তাঁদের লক্ষ করতে লাগল। তারপর সেই বর্ষীয়সী রমণীর সঙ্গে দেখা হলে তাঁকে বলল, “পরশু চারজন মেয়েকে স্নানের সময় দেখেছি, কাল ছয়জনকে আর আজ আটজনকে দেখেছি, কিন্তু কই আমার কিছুই তো হল না।” বর্ষীয়সী রমণী তা শুনে শ্রীমতী চন্দ্রাদেবীর কাছে এসে হাসতে হাসতে সে কথা বলে দিলেন। শ্রীমতী চন্দ্রা তখন গদাধরকে অবসর সময়ে কাছে পেয়ে মিষ্টি কথায় বুঝিয়ে বললেন, “ওরকম করলে তোমার কিছু হয় না, কিন্তু মেয়েরা নিজেদের বিশেষ অপমানিত মনে করেন, তাঁরা আমার মতোই, তাঁদের অপমান করলে আমাকেই অপমান করা হয়। তাই আর কখনও ওভাবে তাঁদের অসম্মান কোরো না। তাঁদের ও আমার মনে কষ্ট দেওয়া কি ভালো?” বালকও তা বুঝে সেই থেকে এমন আচরণ আর কখনও করল না।
গদাধরের শিক্ষার উন্নতি ও প্রসার
সে যা হোক, পাঠশালে গিয়ে গদাধরের শিক্ষা মন্দ এগোচ্ছিল না। সে অল্পকালের মধ্যেই সামান্য পড়তে এবং লিখতে শিখে গেল। কিন্তু অঙ্কশাস্ত্রের উপর তার বিদ্বেষ চিরদিন প্রায় একইরকম রইল। অন্যদিকে বালকের অনুকরণ ও উদ্ভাবনী-শক্তি দিন দিন নানা নতুন দিকে প্রসারিত হতে লাগল। গ্রামের কুমোরদের দেবদেবীর মূর্তি গড়তে দেখে বালক তাদের কাছে যাতায়াত করে, জিজ্ঞাসা করে বাড়িতে সেই বিদ্যা অভ্যাস করতে লাগল, এবং সেটি তার অন্যতম খেলা হয়ে উঠল। পটুয়াদের সঙ্গে মিশে সে একইভাবে ছবি আঁকতে আরম্ভ করল। গ্রামের কোথাও পুরাণকথা অথবা যাত্রাগান হচ্ছে শুনলেই সে সেখানে গিয়ে শাস্ত্রোপাখ্যানগুলি শিখতে লাগল এবং শ্রোতাদের কাছে সেগুলি কীভাবে প্রকাশ করলে তাদের বিশেষ ভালো লাগে, তা তন্ন তন্ন করে লক্ষ করতে লাগল। বালকের অপূর্ব স্মৃতি ও মেধা এসব বিষয়ে তাকে বিশেষ সহায়তা করত।
আবার সদানন্দ বালকের রঙ্গরসপ্রিয়তা তার অদ্ভুত অনুকরণশক্তির সাহায্যে প্রবৃদ্ধ হয়ে একদিকে যেমন তাকে এই বয়স থেকেই নরনারীর বিশেষ বিশেষ হাবভাব অভিনয়ের দিকে টেনে নিল, অন্যদিকে তেমনই তার মনের স্বাভাবিক সরলতা ও দেবভক্তি তার জনক-জননীর দৈনন্দিন অনুষ্ঠানগুলির দৃষ্টান্তে দ্রুতপদে উন্নতির দিকে এগিয়ে চলল। বালক বড় হয়ে চিরজীবন সে কথা যে কৃতজ্ঞহৃদয়ে স্মরণ ও স্বীকার করেছে, তা দক্ষিণেশ্বরে আমাদের বলা এই কথাগুলি থেকে পাঠক বিশেষভাবে প্রণিধান করতে পারবেন—“আমার জননী মূর্তিমতী সরলতাস্বরূপা ছিলেন। সংসারের কোনো বিষয় বুঝতেন না; টাকা পয়সা গুনতে জানতেন না। কাকে কোন কথা বলতে নেই, তা জানতেন না বলে নিজের পেটের কথা সকলের কাছেই বলে ফেলতেন, সেজন্য লোকে তাঁকে ‘হাউড়ো’ বলত এবং তিনি সকলকে খাওয়াতে বড় ভালোবাসতেন। আমার জনক কখনও শূদ্রের দান গ্রহণ করেননি; পূজা, জপ, ধ্যানে দিনের বেশির ভাগ সময় কাটাতেন। প্রতিদিন সন্ধ্যা করার সময় ‘আয়াহি বরদে দেবি’ ইত্যাদি গায়ত্রীর আবাহন উচ্চারণ করতে করতে তাঁর বুক স্ফীত ও রক্তিম হয়ে উঠত এবং নয়নের অশ্রুধারায় ভেসে যেত; আবার, যখন পূজাদিতে নিযুক্ত না থাকতেন, তখনও তিনি ৺রঘুবীরকে সাজানোর জন্য সূচ সুতো ও ফুল নিয়ে মালা গেঁথে সময় কাটাতেন। মিথ্যাসাক্ষ্য দেওয়ার ভয়ে তিনি পৈতৃক ভিটে ত্যাগ করেছিলেন। গ্রামের লোকে তাঁকে ঋষির মতো মান্য ভক্তি করত।”
বালকের সাহস
বালকের অসীম সাহসের পরিচয়ও দিন দিন পাওয়া যাচ্ছিল। বয়োবৃদ্ধেরাও যেখানে ভূতপ্রেতের ভয়ে জড়সড় হত, বালক সেখানে অকুতোভয়ে যাতায়াত করত। তার পিসি শ্রীমতী রামশীলার উপর কখনও কখনও ৺শীতলাদেবীর ভাবাবেশ হত। তখন তিনি যেন ভিন্ন এক ব্যক্তি হয়ে যেতেন। এই সময়ে কামারপুকুরে ভাইয়ের কাছে থাকাকালে একদিন সহসা তাঁর তেমন ভাবান্তর দেখা দিয়েছিল; এতে পরিবারের সকলের মনে ভয় ও ভক্তি জেগেছিল। তাঁর এমন অবস্থা শ্রদ্ধার সঙ্গে দেখলেও কিন্তু গদাধর তাতে কিছুমাত্র শঙ্কিত হয়নি। সে তাঁর খুব কাছে থেকে তন্ন তন্ন করে তাঁর ভাবান্তর লক্ষ করেছিল এবং পরে বলেছিল, “পিসীমার ঘাড়ে যে আছে, সে যদি আমার ঘাড়ে চাপে তো বেশ হয়।”
বালকের অপরের সঙ্গে মেলামেশার শক্তি
কামারপুকুরের অর্ধক্রোশ উত্তরে অবস্থিত ভূরসুবো অথবা ভূরশোভা নামে গ্রামের বিশিষ্ট দাতা ও ভক্ত জমিদার মানিকরাজার কথা আমরা পাঠককে ইতিপূর্বে বলেছি। শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মপরায়ণতায় আকৃষ্ট হয়ে তিনি তাঁর সঙ্গে বিশেষ সৌহৃদ্যসূত্রে আবদ্ধ হয়েছিলেন। ছয় বছরের বালক গদাধর পিতার সঙ্গে একদিন মানিকরাজার বাড়িতে গিয়ে সকলের সঙ্গে এমন চিরপরিচিতের মতো নিঃসংকোচে মধুর ব্যবহার করেছিল যে, সেদিন থেকেই সে তাঁদের প্রিয় হয়ে উঠেছিল। মানিকরাজার ভাই শ্রীযুক্ত রামজয় বন্দ্যোপাধ্যায় সেদিন বালককে দেখে মুগ্ধ হয়ে শ্রীযুক্ত ক্ষুদিরামকে বলেছিলেন, “সখা, তোমার এই পুত্রটি সামান্য নয়, এর মধ্যে দেব-অংশ বিশেষভাবে বিদ্যমান বলে মনে হয়! তুমি যখন এদিকে আসবে, বালককে সঙ্গে নিয়ে এসো, ওকে দেখলে পরম আনন্দ হয়।” শ্রীযুক্ত ক্ষুদিরাম এরপর নানা কারণে মানিকরাজার বাড়িতে কিছুদিন যেতে পারেননি। মানিকরাজা তাই নিজের পরিবারের একজন রমণীকে খবর নিতে এবং সুস্থ থাকলে গদাধরকে কিছুক্ষণের জন্য ভূরসুবো গ্রামে আনতে পাঠালেন। বালক তখন পিতার আদেশে সানন্দে সেই রমণীর সঙ্গে গেল এবং সমস্ত দিন সেখানে থেকে সন্ধ্যার আগে নানাবিধ মিষ্টান্ন এবং কয়েকখানি অলংকার উপহার নিয়ে কামারপুকুরে ফিরল। গদাধর ক্রমে এই ব্রাহ্মণ-পরিবারের এত প্রিয় হয়ে উঠেছিল যে, তাকে সঙ্গে নিয়ে শ্রীযুক্ত ক্ষুদিরাম ভূরসুবো যেতে কয়েক দিন দেরি করলেই তাঁরা লোক পাঠিয়ে তাকে নিয়ে যেতেন। দিন, পক্ষ, মাস এভাবে কেটে গেল, বালক ক্রমে সাত বছরে পা দিল এবং শৈশবের মাধুর্য ঘনীভূত হয়ে তাকে এবার দিন দিন সকলের আরও প্রিয় করে তুলল। পাড়ার রমণীরা বাড়িতে কোনোরকম সুখাদ্য তৈরি করার সময় তার কিছু অংশ তাকে কেমন করে খাওয়াবেন সেই কথাই আগে ভাবতেন, সমবয়স্ক বালকবালিকারা নিজেদের খাবার তার সঙ্গে ভাগ করে খেয়ে আরও তৃপ্তি পেত এবং প্রতিবেশীরা সকলে তার মধুর কথা, সংগীত ও ব্যবহারে মুগ্ধ হয়ে তার বালকসুলভ দৌরাত্ম্য খুশিমনে সহ্য করত।
গদাধরের ভাবুকতার অসাধারণ পরিণাম
এই সময়ের একটি ঘটনায় বালক তার জনকজননী এবং বন্ধুবান্ধবকে বিশেষ চিন্তায় ফেলেছিল। ঈশ্বর-কৃপায় গদাধর সুস্থ ও সবল শরীর নিয়ে সংসারে প্রবেশ করেছিল এবং জন্ম থেকে এ পর্যন্ত তার বিশেষ কোনো ব্যাধি হয়নি। বালক সেজন্য গগনচারী বিহঙ্গের মতো অপূর্ব স্বাধীনতা ও চিত্তপ্রসাদে দিন কাটাত। শরীরবোধ না থাকাই পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলে প্রসিদ্ধ চিকিৎসকেরা নির্দেশ করেন। বালক জন্ম থেকে এমন স্বাস্থ্যসুখ অনুভব করে আসছিল। তা ছাড়া তার স্বাভাবিক একাগ্র চিত্ত কোনো বিশেষ বিষয়ে যখন নিবিষ্ট হত, তখন তার শরীরবুদ্ধি আরও হ্রাস পেয়ে তাকে যেন একেবারে ভাবময় করে তুলত। বিশুদ্ধ-বায়ু-আন্দোলিত প্রান্তরের হরিৎ-সুন্দর ছবি, নদীর অবিরাম প্রবাহ, বিহঙ্গের কলগান এবং সর্বোপরি সুনীল অম্বর ও তার ভিতরের প্রতিক্ষণ-পরিবর্তনশীল অভ্রপুঞ্জের মায়ারাজ্য প্রভৃতি যখন যে পদার্থ আপন রহস্যময় প্রতিকৃতিতে তার মনের সামনে আপন মহিমা প্রসারিত করে সেই মনকে আকৃষ্ট করত, বালক তখনই তাকে নিয়ে আত্মহারা হয়ে ভাবরাজ্যের কোনো এক সুদূর নিভৃত প্রদেশে প্রবিষ্ট হত! এই ঘটনাটিও তার ভাবপ্রবণতা থেকে হয়েছিল।[1] প্রান্তরের মধ্যে যদৃচ্ছা ঘুরে বেড়াতে বেড়াতে বালক নবজলধরের কোলে বলাকাশ্রেণির শ্বেতপক্ষ বিস্তার করে সুন্দর স্বাধীন পরিভ্রমণ দেখে এত তন্ময় হল যে, তার নিজের শরীরের ও জগতের অন্য সব পদার্থের বোধ একেবারে লোপ পেল এবং সংজ্ঞাশূন্য হয়ে সে প্রান্তর-পথে পড়ে গেল। সঙ্গীরা তার এমন অবস্থা দেখে ভীত ও বিপন্ন হয়ে তার জনক-জননীকে খবর দিল এবং তাকে ধরাধরি করে প্রান্তর থেকে বাড়িতে তুলে নিয়ে যাওয়া হল। চেতনা ফেরার কিছুক্ষণ পরেই কিন্তু সে নিজেকে আগের মতো সুস্থ বোধ করল। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও শ্রীমতী চন্দ্রাদেবী যে এই ঘটনায় বিষম চিন্তিত হয়েছিলেন এবং আর যাতে তার এমন অবস্থা না হয়, সেজন্য নানা উপায় উদ্ভাবন করেছিলেন, তা বলাই বাহুল্য। বস্তুত তাঁরা এতে বালকের মূর্ছারূপ বিষম ব্যাধির সূচনা দেখে ওষুধপত্র দিতে এবং শান্তিস্বস্ত্যয়নাদি করাতে মন দিয়েছিলেন। বালক গদাধর কিন্তু সেই ঘটনা সম্বন্ধে তাঁদের বারবার বলেছিল, তার মন এক অভিনব অদৃষ্টপূর্ব ভাবে লীন হয়েছিল বলেই তার ওই অবস্থা হয়েছিল এবং বাইরে অন্যরকম দেখালেও তার ভিতরে সংজ্ঞা এবং এক প্রকার অপূর্ব আনন্দের বোধ ছিল। সে যা হোক, তার ওই অবস্থা তখন আর হয়নি বলে এবং তার স্বাস্থ্যের কোনো গোলমাল না দেখে শ্রীযুক্ত ক্ষুদিরাম ভেবেছিলেন, তা কোনোরকম বায়ুর প্রকোপে সাময়িকভাবে হয়েছিল; এবং শ্রীমতী চন্দ্রা স্থিরনিশ্চয় হয়েছিলেন, উপদেবতার নজর লেগে তার অমন হয়েছিল। কিন্তু সেই ঘটনার জন্য তাঁরা বালককে পাঠশালায় কিছুকাল যেতে দেননি। বালক তখন প্রতিবেশীদের বাড়িতে এবং গ্রামের সর্বত্র যদৃচ্ছা ঘুরে বেড়িয়ে আগের চেয়েও বেশি খেলায় ও কৌতুকে মেতে উঠেছিল।
রামচাঁদের বাড়িতে ৺দুর্গোৎসব
এভাবে সাত বছরে পা দেওয়ার পর বালকের সেই বছরের অর্ধেকটা কেটে গেল এবং ক্রমে সন ১২৪৯ সালের শারদীয়া মহাপূজার সময় এল। শ্রীযুক্ত ক্ষুদিরামের কৃতী ভাগনে রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা ইতিপূর্বে পাঠককে বলেছি। কর্মস্থল বলে মেদিনীপুরে বছরের বেশির ভাগ সময় কাটালেও সেলামপুর নামে গ্রামই তাঁর পৈতৃক বাসস্থান ছিল; এবং তাঁর পরিবারের লোকজন সেখানেই বাস করত। শ্রীযুক্ত রামচাঁদ সেই গ্রামে প্রতিবছর শারদীয়া মহাপূজার অনুষ্ঠান করে অনেক টাকা খরচ করতেন। হৃদয়রামের কাছে শুনেছি, পূজার সময় রামচাঁদের সেলামপুরের ভবন আট দিন ধরে গীতবাদ্যে মুখরিত হয়ে থাকত এবং ব্রাহ্মণভোজন, পণ্ডিতবিদায়, দরিদ্রভোজন ও তাদের বস্ত্রদান প্রভৃতি কাজে সেখানে আনন্দের স্রোত তখন নিরন্তর প্রবাহিত হত। শ্রীযুক্ত রামচাঁদ এই উপলক্ষ্যে তাঁর পরম শ্রদ্ধাস্পদ মাতুলকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে এই সময়ে কিছুকাল তাঁর সঙ্গে আনন্দে কাটাতেন। এ বছরও শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাঁর পরিবারের সকলে রামচাঁদের সাদর নিমন্ত্রণ যথাসময়ে পেলেন।
ক্ষুদিরাম ও রামকুমারের রামচাঁদের বাড়িতে গমন
শ্রীযুক্ত ক্ষুদিরামের তখন আটষট্টি বছর প্রায় পূর্ণ হতে চলেছে এবং কিছুকাল আগে থেকে মধ্যে মধ্যে অজীর্ণ ও গ্রহণীরোগে আক্রান্ত হওয়ায় তাঁর সুদৃঢ় শরীর এই সময়ে বলহীন হয়ে পড়েছিল। সেজন্য প্রিয় ভাগনে রামচাঁদের সাদর আহ্বানে তাঁর ভবনে যেতে ইচ্ছা হলেও তিনি ইতস্তত করতে লাগলেন। নিজের দরিদ্র কুটির এবং পরিবারের লোকজনকে, বিশেষত গদাধরকে কয়েক দিনের জন্য ছেড়ে যেতেও তিনি অন্তরে একটা কারণশূন্য অথচ প্রবল অনিচ্ছা অনুভব করতে লাগলেন। আবার ভাবলেন, শরীর যেরকম দুর্বল হয়ে পড়ছে, তাতে এ বছর না গেলে আর কখনও যেতে পারবেন কি না তা কে বলতে পারে? তাই স্থির করলেন, গদাধরকে সঙ্গে নিয়ে যাবেন। পরক্ষণে নিশ্চিত বুঝলেন, গদাধরকে সঙ্গে নিলে শ্রীমতী চন্দ্রা বিশেষ উদ্বিগ্ন থাকবেন। অগত্যা জ্যেষ্ঠ পুত্র রামকুমারের সঙ্গে গিয়ে পূজার কয়টা দিন রামচাঁদের কাছে কাটিয়ে আসবেন, এটাই স্থির করলেন এবং রঘুবীরকে প্রণাম করে, সকলের কাছে বিদায় নিয়ে এবং গদাধরের মুখচুম্বন করে তিনি পূজার কিছুদিন আগে সেলামপুর যাত্রা করলেন। রামচাঁদ পূজার্হ মাতুল ও ভ্রাতা রামকুমারকে কাছে পেয়ে বিশেষ আনন্দিত হলেন।
ক্ষুদিরামের ব্যাধি ও দেহত্যাগ
সেখানে পৌঁছনোর পরেই কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরামের গ্রহণীরোগ আবার দেখা দিল এবং তাঁর চিকিৎসা চলতে লাগল। ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীর দিন মহানন্দে কেটে গেল, কিন্তু নবমীর দিনে আনন্দের হাটে নিরানন্দ দেখা দিল। শ্রীযুক্ত ক্ষুদিরামের ব্যাধি প্রবল আকার ধারণ করল। রামচাঁদ উপযুক্ত বৈদ্যদের এনে এবং বোন হেমাঙ্গিনী ও রামকুমারের সাহায্যে সযত্নে তাঁর সেবা করতে লাগলেন। কিন্তু আগে থেকে সঞ্চিত রোগের উপশম হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। নবমীর দিন ও রাত্রি কোনোমতে কেটে গেল; হিন্দুর বিশেষ পবিত্র সম্মেলনের দিন বিজয়াদশমী সমাগত হল। শ্রীযুক্ত ক্ষুদিরাম সেদিন এত দুর্বল হয়ে পড়লেন যে, কথা বলা তাঁর পক্ষে কষ্টকর হয়ে উঠল।
ক্রমে বিকেল হলে রামচাঁদ প্রতিমা বিসর্জন করে সত্বর মাতুলের কাছে এসে দেখলেন, তাঁর অন্তিমকাল প্রায় উপস্থিত। তিনি জিজ্ঞাসা করে জানলেন, শ্রীযুক্ত ক্ষুদিরাম অনেকক্ষণ ধরে নির্বাক হয়ে ওইভাবে জ্ঞানশূন্যের মতো পড়ে রয়েছেন। তখন রামচাঁদ চোখের জল ফেলতে ফেলতে তাঁকে সম্বোধন করে বললেন, “মামা, তুমি যে সর্বদা ‘রঘুবীর, রঘুবীর’ বলো, এখন বলছ না কেন?” সেই নাম শুনে সহসা শ্রীযুক্ত ক্ষুদিরামের চৈতন্য হল। তিনি ধীরে ধীরে কম্পিত স্বরে বলে উঠলেন, “কে, রামচাঁদ? প্রতিমাবিসর্জন করে এলে। তবে আমাকে একবার বসিয়ে দাও।” তারপর রামচাঁদ, হেমাঙ্গিনী ও রামকুমার তাঁকে ধরাধরি করে অতি সন্তর্পণে শয্যায় বসিয়ে দেওয়ামাত্র তিনি গম্ভীরস্বরে তিনবার ৺রঘুবীরের নাম উচ্চারণ করে দেহত্যাগ করলেন। বিন্দু সিন্ধুর সঙ্গে মিলিত হল—৺রঘুবীর ভক্তের পৃথক জীবনবিন্দু নিজ অনন্ত জীবনে সম্মিলিত করে তাকে অমর ও পূর্ণ শান্তির অধিকারী করলেন! পরে গভীর নিশীথে উচ্চ সংকীর্তনে গ্রাম মুখরিত হয়ে উঠল এবং শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহ নদীকূলে আনা হলে তাতে অগ্নিসংস্কার করা হল। পরদিন সে সংবাদ এসে কামারপুকুরের আনন্দধাম নিরানন্দে পূর্ণ করল।
তারপর অশৌচ শেষ হলে শ্রীযুক্ত রামকুমার শাস্ত্রবিধানে বৃষোৎসর্গ এবং বহু ব্রাহ্মণভোজন করিয়ে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করলেন। শোনা যায়, মাতুলের শ্রাদ্ধক্রিয়ায় শ্রীযুক্ত রামচাঁদ পাঁচশো টাকা সাহায্য করেছিলেন।
_________________________________________________
[1] ঠাকুর এই ঘটনা সম্বন্ধে নিজমুখে যা বলেছিলেন, তার জন্য ‘সাধকভাব, দ্বিতীয় অধ্যায়’ দ্রষ্টব্য।
ক্ষুদিরামের মৃত্যুতে তাঁর পরিবারের সকলের জীবনে যেসব পরিবর্তন দেখা দিল
শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহাবসানে তাঁর পরিবারের সকলের জীবনে বিশেষ পরিবর্তন দেখা দিল। বিধাতার বিধানে শ্রীমতী চন্দ্রা দীর্ঘ চুয়াল্লিশ বছর সুখে দুঃখে তাঁকে জীবনসহচররূপে পেয়েছিলেন, অতএব তাঁকে হারিয়ে তিনি যে এখন জগৎ শূন্য দেখবেন এবং প্রাণে একটা চিরস্থায়ী অভাব প্রতিক্ষণ অনুভব করবেন, তা আর বলতে হবে না। সুতরাং শ্রীশ্রীরঘুবীরের পাদপদ্মে শরণগ্রহণে চিরাভ্যস্ত তাঁর মনের গতি এখন সংসার ছেড়ে সেইদিকেই নিরন্তর প্রবাহিত হতে থাকল। কিন্তু মন ছাড়তে চাইলেও যতদিন না কাল পূর্ণ হয়, ততদিন সংসার তাঁকে ছাড়বে কেন? সাত বছরের পুত্র গদাধর এবং চার বছরের কন্যা সর্বমঙ্গলার চিন্তার ভিতর দিয়ে প্রবেশ করে সংসার আবার তাঁকে দৈনন্দিন জীবনের সুখ-দুঃখে ধীরে ধীরে ফিরিয়ে আনতে লাগল। সুতরাং ৺রঘুবীরের সেবায় এবং ছোট পুত্র-কন্যার পালনে নিযুক্ত থেকে শ্রীমতী চন্দ্রা কোনোমতে দুঃখের দিন কাটাতে লাগলেন।
অন্যদিকে পিতৃবৎসল রামকুমারের কাঁধে এখন সংসারের সমগ্র ভার পড়ায় তাঁর বৃথা শোকে কালক্ষেপ করার অবসর রইল না। শোকসন্তপ্ত জননী এবং অল্পবয়স্ক ভাই ও বোন যাতে কোনো রকম অভাবে পড়ে কষ্ট না পায়, আঠারো বছরের মেজ ভাই রামেশ্বর যাতে স্মৃতি ও জ্যোতিষাদি অধ্যয়ন শেষ করে উপার্জনক্ষম হয়ে সংসারে সাহায্য করতে পারে, নিজে যাতে আগের চেয়ে আয় বাড়িয়ে পারিবারিক অবস্থার উন্নতি করতে পারেন—এমন শত চিন্তা ও কাজে ব্যাপৃত থেকে তিনি এখন দিন কাটাতে লাগলেন। তাঁর কর্মকুশলা গৃহিণীও চন্দ্রাদেবীকে অসমর্থ দেখে পরিবারের সকলের খাওয়াদাওয়া এবং অন্যান্য গৃহকর্মের বন্দোবস্তের অধিকাংশ ভার গ্রহণ করলেন।
সেই ঘটনায় গদাধরের মনের অবস্থা
বিজ্ঞ ব্যক্তিরা বলেন, শৈশবে মাতৃবিয়োগ, কৈশোরে পিতৃবিয়োগ এবং যৌবনে স্ত্রীবিয়োগ জীবনে যত অভাব আনে, তত বোধ হয় অন্য কোনো ঘটনা আনে না। মাতার আদরযত্নই শৈশবে প্রধান অবলম্বন, সেজন্য পিতার দেহান্ত হলেও শিশু তখন তাঁর অভাব উপলব্ধি করে না। কিন্তু বুদ্ধির উন্মেষের সঙ্গে কৈশোরে পৌঁছে সেই শিশু যখন দিন দিন পিতার অমূল্য ভালোবাসার পরিচয় পেতে থাকে, স্নেহময়ী জননী তার যেসব অভাব পূর্ণ করতে অসমর্থ, পিতা সেই সব অভাব মোচন করেন বলে তার হৃদয় যখন তাঁর প্রতি আকৃষ্ট হতে আরম্ভ করে, সেই সময়ে পিতৃবিয়োগ ঘটলে তার জীবনে অভাববোধের পরিসীমা থাকে না। পিতৃবিয়োগে গদাধরের তেমনই হয়েছিল। প্রতিদিন নানা ক্ষুদ্র ঘটনা তাকে পিতার অভাব মনে করিয়ে দিয়ে তার অন্তরের অন্তর বিষাদের গাঢ় কালিমায় সর্বদা রঞ্জিত করে রাখত। কিন্তু তার হৃদয় ও বুদ্ধি এই বয়সেই অন্যদের তুলনায় বেশি পরিপক্ব হওয়ায় মাতার দিকে চেয়ে সে তা বাইরে কখনও প্রকাশ করত না। সকলে দেখত, বালক আগের মতো সদানন্দে হাসি-কৌতুকে দিন কাটাচ্ছে। ভূতির খালের শ্মশান, মানিকরাজার আম্রকানন প্রভৃতি গ্রামের জনশূন্য জায়গাগুলিতে তাকে কখনও কখনও একাকী বিচরণ করতে দেখলেও বালসুলভ চপলতা ছাড়া অন্য কোনো কারণে সে সেখানে গিয়েছে, এ কথা কারও মনে আসত না। বালক কিন্তু এখন থেকে চিন্তাশীল ও নির্জনপ্রিয় হয়ে উঠতে লাগল এবং সংসারের সকলকে তার চিন্তার বিষয় করে তাদের আচরণ তন্ন তন্ন করে লক্ষ করতে শুরু করল।
চন্দ্রাদেবীর প্রতি গদাধরের এই সময়ের আচরণ
সমসমান অভাববোধই মানবকে সংসারে পরস্পরের প্রতি আকৃষ্ট করে। সেইজন্যই বোধ হয় বালক এখন তার মাতার প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করল। সে এখন আগের চেয়ে অনেক বেশি সময় তাঁর কাছে কাটিয়ে এবং দেবসেবা ও গৃহকর্মাদিতে তাঁকে যথাসাধ্য সাহায্য করে আনন্দ পেতে লাগল। সে কাছে থাকলে জননী নিজের জীবনের অভাববোধ যে অনেকটা ভুলে থাকেন, এ কথা লক্ষ করতে বালকের বিলম্ব হয়নি। কিন্তু মাতার প্রতি বালকের আচরণ এখন কিছু ভিন্ন রকম হয়ে উঠল। কারণ, পিতার মৃত্যুর পর বালক কোনো কিছু পাওয়ার জন্য চন্দ্রাদেবীকে আগের মতো আবদার করে কখনও ধরত না। সে বুঝত, জননী তা দিতে না পারলে তাঁর শোকাগ্নি আবার জ্বলে উঠে তাঁকে বিশেষ যন্ত্রণা দেবে। বস্তুত, পিতৃবিয়োগে তার হৃদয়ে মাতাকে সর্বদা রক্ষা করার ভাব জেগে উঠল।
গদাধরের এই সময়ের কাজকর্ম ও সাধুদের সঙ্গে মেলামেশা
গদাধর পাঠশালায় গিয়ে আগের মতো লেখাপড়া করতে থাকল, কিন্তু পুরাণ-কথা ও যাত্রাগান শোনা এবং দেব-দেবীর মূর্তি গড়া তার কাছে এখন আরও প্রিয় হয়ে উঠল। সেই সব নিয়ে থাকলে পিতার অভাববোধ অনেকাংশে ভুলে থাকা যায় দেখেই বোধ হয় সে এখন সেগুলিকে বিশেষভাবে অবলম্বন করল। বালকের অসাধারণ স্বভাব তাকে এই সময়ে অন্য এক অভিনব বিষয়ের দিকে টেনে নিল। গ্রামের অগ্নিকোণে পুরী যাওয়ার পথের উপর জমিদার লাহাবাবুরা যাত্রীদের সুবিধার জন্য একটি পান্থনিবাস প্রতিষ্ঠা করেছিলেন। ৺জগন্নাথদর্শনে যাওয়ার ও ফেরার পথে সাধু-বৈরাগীরা অনেক সময় এই পান্থনিবাসে আশ্রয় নিয়ে গ্রামে প্রবেশ করে ভিক্ষা সংগ্রহ করতেন। গদাধর সংসারের অনিত্যতার কথা আগেই শুনেছিল এবং পিতার মৃত্যুতে এবার তার সাক্ষাৎ পরিচয়ও পেল। সাধু-বৈরাগীরা অনিত্য সংসার ত্যাগ করে শ্রীভগবানের দর্শনাকাঙ্ক্ষী হয়ে কালযাপন করেন এবং সাধুসঙ্গ মানবকে চরম শান্তি দিয়ে কৃতার্থ করে, পুরাণমুখে এ কথা জেনে বালক সাধুদের সঙ্গে পরিচিত হওয়ার আশায় সেই পান্থনিবাসে এখন থেকে মধ্যে মধ্যে যাতায়াত করতে লাগল। সকালে এবং সন্ধ্যায় ধুনির পবিত্র অগ্নি উজ্জ্বল করে তাঁরা যেভাবে ভগবদ্ধ্যানে নিমগ্ন হন, ভিক্ষালব্ধ সামান্য আহার নিজ নিজ ইষ্টদেবতাকে নিবেদন করে যেভাবে তাঁরা সন্তুষ্টচিত্তে প্রসাদ গ্রহণ করেন, ব্যাধির প্রবল প্রকোপে পড়লে যেভাবে তাঁরা শ্রীভগবানের মুখাপেক্ষী থেকে তা অকাতরে সহ্য করতে চেষ্টা করেন, নিজেদের বিশেষ প্রয়োজনসিদ্ধির জন্যও তাঁরা যেভাবে কাউকে উদ্বিগ্ন করতে পরাঙ্মুখ হন, আবার তাঁদের মতো বেশভূষাধারী ভণ্ড লোকেরা যেভাবে সবরকম সদাচারের বিপরীত আচরণ করে স্বার্থসুখসাধনের জন্য জীবনধারণ করে—এই সমস্তই বালক এখন অবসর সময়ে লক্ষ করতে লাগল। ক্রমে সে যথার্থ সাধুদের দেখলে রান্নাবান্নার জন্য কাঠ সংগ্রহ, পানীয় জল আনা প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কাজে সাহায্য করে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে লাগল। তাঁরাও প্রিয়দর্শন বালকের মধুর আচরণে পরিতৃপ্ত হয়ে সানন্দে তাকে ভগবদ্ভজন শেখাতে, নানাভাবে সদুপদেশ দিতে এবং প্রসাদী ভিক্ষান্নের কিছু অংশ তাকে দিয়ে একসঙ্গে খেতে লাগলেন। অবশ্য যেসব সাধু পান্থনিবাসে কোনো কারণে বেশি সময় থাকতেন, তাঁদের সঙ্গেই বালক ওইভাবে মিশতে পারত।
সাধুদের সঙ্গে মেলামেশায় চন্দ্রাদেবীর আশঙ্কা ও তার নিরসন
গদাধরের বয়স যখন আট বছর, তখন কয়েকজন সাধু অত্যধিক পথশ্রম দূর করার জন্য অথবা অন্য কোনো কারণে লাহাবাবুদের পান্থনিবাসে সেইরকমই অনেক দিন ধরে ছিলেন। বালক তাঁদের সঙ্গে ওইভাবে মিশে শীঘ্রই তাঁদের প্রিয় হয়ে উঠল। তাঁদের সঙ্গে তার এভাবে মেশার কথা প্রথম প্রথম কেউই জানতে পারল না, কিন্তু বালক যখন ঘনিষ্ঠ হয়ে তাঁদের সঙ্গে বেশি সময় কাটাতে লাগল, তখন সে কথা কারও জানতে বাকি রইল না। কারণ, কোনো কোনো দিন সে তাঁদের কাছে প্রচুর আহার করে বাড়িতে ফিরে আর কিছুই খেত না; চন্দ্রাদেবী জিজ্ঞাসা করলে সে তাঁকে সমস্ত কথা নিবেদন করল। শ্রীমতী চন্দ্রা এতে প্রথম প্রথম উদ্বিগ্ন হলেন না, বালকের প্রতি সাধুদের প্রসন্নতাকে আশীর্বাদস্বরূপ গ্রহণ করে তিনি তাকে দিয়ে তাঁদের কাছে প্রচুর খাবারদাবার পাঠাতে লাগলেন। কিন্তু বালক যখন পরে কোনোদিন বিভূতিভূষিতাঙ্গ হয়ে, কোনোদিন তিলক ধারণ করে, আবার কোনোদিন বা নিজের পরনের কাপড় ছিঁড়ে সাধুদের মতো কৌপীন ও বহির্বাস পরে বাড়ি ফিরে ‘মা, সাধুরা আমাকে কেমন সাজিয়ে দিয়েছেন, দেখো’ বলে তাঁর সামনে আসতে লাগল, তখন চন্দ্রাদেবীর মন বিষম উদ্বিগ্ন হল। তিনি ভাবলেন, সাধুরা তাঁর পুত্রকে কোনো দিন ভুলিয়ে সঙ্গে নিয়ে যাবে না তো? সেই আশঙ্কার কথা গদাধরকে বলে তিনি একদিন চোখের জল ফেলতে লাগলেন। তা দেখে বালক তাঁকে নানাভাবে আশ্বাস দিয়েও শান্ত করতে পারল না। তখন সাধুদের কাছে আর কখনও যাবে না বলে সে মনে মনে সংকল্প করল এবং জননীকে সে কথা বলে নিশ্চিন্ত করল। তারপর সেই সংকল্প কাজে পরিণত করার আগে গদাধর শেষ বিদায় নেওয়ার জন্য সাধুদের কাছে গেল এবং তাঁরা এর কারণ জিজ্ঞাসা করলে জননীর আশঙ্কার কথা নিবেদন করল। তা শুনে তাঁরা বালকের সঙ্গে শ্রীমতী চন্দ্রার কাছে এসে তাঁকে বিশেষভাবে বুঝিয়ে বললেন যে, গদাধরকে সেভাবে সঙ্গে নেওয়ার সংকল্প তাঁদের মনে কখনও আসেনি এবং পিতামাতার অনুমতি ছাড়া এমন অল্পবয়স্ক বালককে সঙ্গে নেওয়াকে তাঁরা অপহরণ-রূপ সাধুবিগর্হিত বিষম অপরাধ বলে মনে করেন। এতে চন্দ্রাদেবীর মনে আগের আশঙ্কার ছায়ামাত্র রইল না এবং সাধুদের প্রার্থনায় তিনি বালককে তাঁদের কাছে আগের মতো যেতে অনুমতি দিলেন।
গদাধরের দ্বিতীয়বার ভাবসমাধি
এই সময়ের অন্য একটি ঘটনাতেও শ্রীমতী চন্দ্রা গদাধরের জন্য বিষম চিন্তিত হয়েছিলেন। সেই ঘটনা সহসা ঘটেছে বলে সকলে ধারণা করলেও বোঝা যায়, বালকের ভাবপ্রবণতা এবং চিন্তাশীলতা বেড়ে ওঠার ফলেই তা ঘটেছিল। সে একদিন কামারপুকুরের এক ক্রোশ আন্দাজ উত্তরে আনুড় নামে এক গ্রামের সুপ্রসিদ্ধা দেবী ৺বিশালাক্ষীকে দর্শন করতে গিয়ে পথের মধ্যে সংজ্ঞাশূন্য হয়ে গিয়েছিল। ধর্মদাস লাহার পূতস্বভাবা কন্যা শ্রীমতী প্রসন্নময়ী সেদিন বুঝতে পেরেছিলেন, বালকের ওই অবস্থা ভাবাবেশে হয়েছে। চন্দ্রাদেবী কিন্তু সে কথা বিশ্বাস না করে তা বায়ুরোগ থেকে বা অন্য কোনো কারণে হয়েছে ভেবে চিন্তিত হয়েছিলেন।[1] বালক কিন্তু এবারও আগের মতো বলেছিল যে, ৺দেবীর চিন্তা করতে করতে তাঁর শ্রীপাদপদ্মে মন লয় হয়েই তার ওই অবস্থার উদয় হয়েছিল।
গদাধরের সেঙাত গয়াবিষ্ণু
এভাবে দুই বছরের বেশি সময় কেটে গেল এবং বালক ক্রমে পিতার অভাব ভুলে নিজের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ নিয়ে থাকতে অভ্যস্ত হল। গদাধরের পিতৃবন্ধু শ্রীযুক্ত ধর্মদাস লাহার কথা আমরা ইতিপূর্বে বলেছি। তাঁর পুত্র গয়াবিষ্ণুর সঙ্গে বালকের এই সময়ে সৌহৃদ্য জন্মেছিল। একসঙ্গে পড়াশোনা ও খেলাধুলায় দুই বালক পরস্পরের প্রতি অনুরক্ত হয়ে ক্রমে একে অন্যকে সেঙাত বলে ডাকতে আরম্ভ করল ও প্রতিদিন অনেক সময় একসঙ্গে কাটাতে লাগল; পাড়ার রমণীরা গদাধরকে আগের মতো স্নেহে বাড়িতে ডেকে খাওয়ালে সে এখন সেঙাতকে সঙ্গে নিতে কখনও ভুলত না। বালকের ধাত্রী কামারকন্যা ধনী মিষ্টান্ন-মোদকাদি সযত্নে তৈরি করে তাকে উপহার দিলে সে সেঙাতকে তার অংশ না দিয়ে কখনও খেত না। বলা বাহুল্য, শ্রীযুক্ত ধর্মদাস এবং গদাধরের অভিভাবকেরা দুই বালকের মধ্যে এমন সখ্য দেখে আনন্দিত হয়েছিলেন।
গদাধরের উপনয়নকালের বৃত্তান্ত
সে যা হোক, গদাধরের নয় বছর পূর্ণ হতে চলেছে দেখে শ্রীযুক্ত রামকুমার এখন তার উপনয়নের বন্দোবস্ত করতে লাগলেন। কামারকন্যা ধনী আগে এক সময়ে বালকের কাছে প্রার্থনা করেছিল, সে যেন উপনয়নের সময় তার কাছ থেকে প্রথম ভিক্ষা গ্রহণ করে তাকে মাতৃসম্বোধনে কৃতার্থ করে। তা শুনে বালকও ধনীর অকৃত্রিম স্নেহে মুগ্ধ হয়ে তার অভিলাষ পূর্ণ করতে অঙ্গীকার করেছিল। দরিদ্রা ধনী এতে বালকের কথায় বিশ্বাস রেখে সেই থেকে যথাসাধ্য অর্থাদি সংগ্রহ ও সঞ্চয় করতে করতে সাগ্রহে সেই সময়ের প্রতীক্ষা করছিল। সেই সময় এসে গেছে দেখে গদাধর এবার অগ্রজকে সে কথা নিবেদন করল। কিন্তু বংশে কখনও এমন প্রথা চলেনি বলে শ্রীযুক্ত রামকুমার তাতে আপত্তি করে বসলেন। বালকও নিজের অঙ্গীকার স্মরণ করে এ নিয়ে বিষম জেদ করতে লাগল। সে বলল, তা না করলে তাকে সত্যভঙ্গের অপরাধে অপরাধী হতে হবে এবং মিথ্যাবাদী ব্যক্তি ব্রাহ্মণোচিত যজ্ঞসূত্রধারণে কখনও অধিকারী হতে পারে না। উপনয়নের সময় কাছে এসেছে দেখে আগেই সব আয়োজন করা হয়েছিল, বালকের ওই জেদে সেই কর্ম পণ্ড হওয়ার উপক্রম হল। ক্রমে সে কথা শ্রীযুক্ত ধর্মদাস লাহার কানে গেল। তখন উভয় পক্ষের বিবাদ মিটিয়ে দিতে যত্নবান হয়ে তিনি শ্রীযুক্ত রামকুমারকে বললেন, এমন অনুষ্ঠান তাঁদের বংশে আগে না হলেও তা অন্যত্র বহু সদ্ব্রাহ্মণ-পরিবারে দেখা যায়। অতএব তাতে তাঁদের যখন নিন্দাভাগী হতে হবে না, তখন বালকের সন্তোষ ও শান্তির জন্য তা করতে দোষ নেই। প্রবীণ পিতৃসুহৃৎ ধর্মদাসের কথায় তখন রামকুমার প্রমুখ এ নিয়ে আর আপত্তি করলেন না এবং গদাধর খুশিমনে যথাবিধানে উপবীত ধারণ করে সন্ধ্যা-পূজাদি ব্রাহ্মণোচিত কাজে মনোনিবেশ করল। কামারকন্যা ধনীও তখন বালকের সঙ্গে এই সম্বন্ধ পেয়ে নিজের জীবন ধন্য জ্ঞান করতে লাগল। তার অল্পদিন পরেই বালক দশ বছরে পা দিল।
পণ্ডিতসভায় গদাধরের প্রশ্ন–সমাধান
উপনয়ন হওয়ার কিছুকাল পরে একটি ঘটনায় গদাধরের অসাধারণ দিব্য প্রতিভার পরিচয় পেয়ে গ্রামের সকলে যারপরনাই বিস্মিত হয়েছিল।[2] গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়িতে কোনো এক বিশেষ শ্রাদ্ধবাসরে এক মহতী পণ্ডিতসভা বসেছিল এবং পণ্ডিতেরা ধর্মবিষয়ক কোনো জটিল প্রশ্ন নিয়ে বাদানুবাদ করে সুমীমাংসায় পৌঁছতে পারছিলেন না। বালক গদাধর সেই সময়ে সেখানে উপস্থিত হয়ে সে বিষয়ের এমন সুমীমাংসা করে দিয়েছিল যে পণ্ডিতেরা তা শুনে তার ভূয়সী প্রশংসা করে তাকে আশীর্বাদ করেছিলেন।
গদাধরের ধর্মপ্রবৃত্তির বিকাশ ও তৃতীয়বার ভাবসমাধি
সে যা হোক, উপনয়ন হওয়ার পরে গদাধরের ভাবপ্রবণ হৃদয় নিজের প্রকৃতির অনুকূল অন্য এক বিষয় অবলম্বন করার সুযোগ পেয়ে আনন্দিত হয়েছিল। পিতাকে স্বপ্নে দেখা দিয়ে জীবন্ত বিগ্রহ ৺রঘুবীর কীভাবে কামারপুকুরের ভবনে প্রথমে উপস্থিত হয়েছিলেন, তাঁর শুভাগমনের দিন থেকে লক্ষ্মীজলার ক্ষুদ্র জমিখণ্ডে প্রচুর ধান জন্মে কীভাবে সংসারের অভাব দূর হয়েছিল এবং করুণাময়ী চন্দ্রাদেবী অতিথি-অভ্যাগতদেরও নিত্য অন্নদানে সমর্থ হয়েছিলেন—সেই সব কথা শুনে বালক আগে থেকেই সেই গৃহদেবতাকে বিশেষ ভক্তি ও শ্রদ্ধার চোখে দেখত। এবার সেই দেবতাকে স্পর্শ ও পূজা করার অধিকার পেয়ে বালকের হৃদয় নবানুরাগে পূর্ণ হয়ে উঠল। সন্ধ্যা-বন্দনাদি সমাপ্ত করে সে এখন নিত্য তাঁর পূজা ও ধ্যানে বহুক্ষণ কাটাতে লাগল এবং যাতে তিনি প্রসন্ন হয়ে পিতার মতো তাকেও সময়ে সময়ে দর্শন ও আদেশ দিয়ে কৃতার্থ করেন, সেজন্য বিশেষ নিষ্ঠা ও ভক্তির সঙ্গে তাঁর সেবা করতে লাগল। রামেশ্বর শিব এবং ৺শীতলামাতাও বালকের সেই সেবার অন্তর্ভুক্ত হলেন। এমন সেবা-পূজার ফলও দেখা দিতে বিলম্ব হল না। বালকের পূত হৃদয় তাতে একাগ্র হয়ে অল্পদিনেই তাকে ভাবসমাধি বা সবিকল্প সমাধির অধিকারী করল এবং সেই সমাধির সাহায্যে তার জীবনে নানা দিব্যদর্শনও সময়ে সময়ে আসতে লাগল। তেমন সমাধি ও দর্শনের বিকাশ সেই বছর শিবরাত্রির সময় তার জীবনে ঘটেছিল।[3] বালক সেদিন যথারীতি উপবাসী থেকে বিশেষ নিষ্ঠার সঙ্গে দেবাদিদেব মহাদেবের পূজা করছিল। তার বন্ধু গয়াবিষ্ণু এবং অন্য কয়েকজন বয়স্যও সেদিন সেই উপলক্ষে উপবাসী ছিল এবং প্রতিবেশী গৃহস্থ সীতানাথ পাইনদের বাড়িতে শিবমহিমাসূচক যাত্রার অভিনয় হবে জেনে তা শুনে রাত জাগতে মনস্থ করেছিল। প্রথম প্রহরের পূজা সমাপ্ত করে গদাধর যখন তন্ময় হয়ে বসে ছিল, তখন সহসা তার বয়স্যরা এসে খবর দিল, পাইনদের বাড়িতে তাকে শিব সেজে কয়েকটি কথা বলতে হবে। কারণ, যাত্রার দলে যে শিব সাজত, সে অসুস্থ হয়ে পড়ায় সেই ভূমিকা নিতে পারছে না। বালক তাতে পূজার ব্যাঘাত হবে বলে আপত্তি করলেও তারা কিছুতেই ছাড়ল না। বলল, শিবের ভূমিকা নিলে তাকে সর্বক্ষণ শিবচিন্তাই করতে হবে, তা পূজা করার চেয়ে কোনো অংশে কম নয়। তা ছাড়া, শিব না সাজলে কত লোকের আনন্দ নষ্ট হবে তা ভেবে দেখা উচিত; তারা সকলে উপবাসী রয়েছে এবং এভাবে রাত জেগে ব্রত পূর্ণ করবে বলে মনস্থ করেছে। গদাধর অগত্যা সম্মত হয়ে শিবের ভূমিকা গ্রহণ করে আসরে নেমেছিল। কিন্তু জটা, রুদ্রাক্ষ ও বিভূতি-ভূষিত হয়ে সে শিবের চিন্তায় এতটা তন্ময় হয়ে গিয়েছিল যে, তার কিছুমাত্র বাহ্য সংজ্ঞা ছিল না। পরে বহুক্ষণ কেটে গেলেও তার চেতনা ফিরল না দেখে সে রাতের মতো যাত্রা বন্ধ করতে হয়েছিল।
গদাধরের পুনঃপুনঃ ভাবসমাধি
এখন থেকে গদাধরের এমন সমাধি মধ্যে মধ্যে হতে লাগল। ধ্যান করার সময় এবং দেবদেবীর মহিমাসূচক সংগীতাদি শুনতে শুনতে সে এখন থেকে তন্ময় হয়ে যেত এবং তার চিত্ত অল্প বা অধিক ক্ষণের জন্য নিজের অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে বাইরের বিষয়গুলি আর গ্রহণ করত না। সেই তন্ময়তা যেদিন প্রগাঢ় হত, সেই দিনই তার বাহ্যসংজ্ঞা একেবারে লুপ্ত হয়ে সে জড়ের মতো কিছুকাল থাকত। সেই অবস্থা কেটে যাওয়ার পরে কিন্তু জিজ্ঞাসা করলে বলত, যে দেব অথবা দেবীর ধ্যান করছিল বা সংগীতাদি শুনছিল, তাঁর সম্বন্ধে অন্তরে কোনো এক দিব্যদর্শন লাভ করে সে আনন্দিত হয়েছে। চন্দ্রাদেবীপ্রমুখ পরিবারের সকলে এতে অনেক দিন ধরে অত্যন্ত ভীত ছিলেন, কিন্তু তাতে বালকের স্বাস্থ্যের কিছুমাত্র হানি হতে না দেখে এবং তাকে সর্বকর্মকুশল ও সদানন্দ দেখে তাঁদের সেই আশঙ্কা ক্রমে দূর হয়েছিল। বারংবার এমন অবস্থার উদয় হওয়ায় বালকও ক্রমে তাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তা প্রায় তার ইচ্ছাধীন হয়ে এসেছিল এবং সেই অবস্থার প্রভাবে সূক্ষ্ম বিষয়গুলিতে তার দৃষ্টি প্রসারিত হয়েছিল ও দেবদেবীবিষয়ক নানা তত্ত্বের উপলব্ধি হয়েছিল, তাই সে অবস্থা এলে সে আনন্দিতই হত, কখনও শঙ্কিত হত না। সে যা হোক, বালকের ধর্মপ্রবৃত্তি এখন থেকে বিশেষভাবে প্রবৃদ্ধ হয়ে উঠল এবং সে হরিবাসর, শিবের ও মনসার গাজন, ধর্মপূজা প্রভৃতি গ্রামের যেখানে যে ধর্মানুষ্ঠান হত, সেখানেই গিয়ে সর্বান্তঃকরণে যোগ দিতে লাগল। বালকের মহদুদার ধর্মপ্রকৃতির গুণে সে বিভিন্ন দেবদেবীর উপাসকদের প্রতি বিদ্বেষশূন্য হয়ে এখন থেকে তাঁদের আপন করে নিল। গ্রামের প্রচলিত প্রথা এতে তাকে সহায়তা করেছিল, সন্দেহ নেই। কারণ অন্য গ্রামের মতো নয়, এখানে বিষ্ণূপাসক, শিবভক্ত, ধর্মপূজক প্রভৃতি সকল সম্প্রদায়ের লোক পরস্পরের প্রতি দ্বেষশূন্য হয়ে বিশেষ সদ্ভাবে বসবাস করত।
গদাধরের বিদ্যার্জনে উদাসীনতার কারণ
এভাবে ধর্মপ্রবৃত্তি পরিণত হয়ে উঠলেও গদাধরের লেখাপড়ায় অনুরাগ কিন্তু এই সময়ে বাড়েনি। পণ্ডিত ও ভট্টাচার্যাদি উপাধিভূষিত ব্যক্তিদের ঐহিক ভোগসুখ ও ধনলালসা দেখে সে বরং তাঁদের ধরনের বিদ্যার্জনে দিন দিন উদাসীন হয়ে উঠছিল। কারণ, বালক তার সূক্ষ্মদৃষ্টিতে এখন প্রথমেই সকলের কাজের উদ্দেশ্য নিরূপণ করত এবং পিতার বৈরাগ্য, ঈশ্বরভক্তি, সত্য, সদাচার ও ধর্মপরায়ণতা প্রভৃতি গুণগুলিকে আদর্শরূপে সামনে রেখে তাঁদের আচরণের মূল্য বিচার করত। সেই বিচার করতে গিয়ে বালক সংসারে প্রায় সকলেরই উদ্দেশ্য অন্যরকম দেখে বিস্মিত হয়েছিল। আবার অনিত্য সংসারকে নিত্য বলে গ্রহণ করে তারা সর্বদা দুঃখে মুহ্যমান হয় দেখে সে ততোধিক বিমর্ষও হয়েছিল। এসব দেখে শুনে নিজের জীবন ভিন্নভাবে পরিচালিত করার সংকল্প যে তার মনে জাগবে, তা বিচিত্র নয়। পাঠক হয়তো ওই কথাগুলি শুনে বলবেন, এগারো বা বারো বছরের বালকের সূক্ষ্মদৃষ্টি ও বিচার-শক্তির এতটা বিকাশ হওয়া কি সম্ভবপর? উত্তরে বলা যেতে পারে, সাধারণ বালকদের এমন হয় না সত্য, কিন্তু গদাধর সেই শ্রেণিভুক্ত ছিল না। অসাধারণ প্রতিভা, মেধা ও মানসিক সংস্কারসমূহ নিয়ে সে জন্মগ্রহণ করেছিল। সুতরাং অল্প বয়স হলেও তার পক্ষে এমন কাজ বিচিত্র নয়। সেজন্য তা আমাদের কাছে যেমনই প্রতীয়মান হোক না কেন, আমরা অনুসন্ধানে ঘটনা যেমন জেনেছি, সত্যের অনুরোধে আমাদের তা তেমনই বলে যেতে হবে।
গদাধরের শিক্ষা এই সময়ে কতদূর অগ্রসর হয়েছিল
সে যা হোক, প্রচলিত বিদ্যাশিক্ষায় ক্রমশ উদাসীন হতে থাকলেও গদাধর তখনও আগের মতো নিয়মিতভাবে পাঠশালায় যাচ্ছিল এবং মাতৃভাষায় ছাপা বই পড়তে, লিখতেও বিশেষ পটু হয়ে উঠেছিল। বিশেষত রামায়ণ, মহাভারতাদি ধর্মগ্রন্থ সে এখন ভক্তির সঙ্গে এমন সুন্দরভাবে পাঠ করত যে, লোকে তা শুনে মুগ্ধ হত। গ্রামের সরলচিত্ত অজ্ঞ লোকেরা সেজন্য তার মুখে সেই সব গ্রন্থ শুনতে বিশেষ আগ্রহ প্রকাশ করত। বালকও তাদের তৃপ্তি দিতে কখনও পরাঙ্মুখ হত না। এভাবে সীতানাথ পাইন, মধু যুগী প্রভৃতি অনেকে এজন্য তাকে নিজ নিজ বাড়িতে ডেকে নিয়ে যেত এবং স্ত্রী-পুরুষ সকলে মিলে তার মুখে প্রহ্লাদচরিত্র, ধ্রুবোপাখ্যান অথবা রামায়ণ-মহাভারতাদি থেকে অন্য কোনো উপাখ্যান ভক্তিভরে শুনত।
রামায়ণ-মহাভারতাদি ছাড়া কামারপুকুরে এ অঞ্চলের প্রসিদ্ধ দেব-দেবীদের প্রকট হওয়ার কাহিনিগুলি গ্রাম্য কবিদের হাতে সরল পদ্যে লিপিবদ্ধ হয়ে প্রচলিত আছে। ৺তারকেশ্বর মহাদেবের প্রকট হওয়ার কথা, যোগাদ্যার পালা, বন-বিষ্ণুপুরের ৺মদনমোহনজীর উপাখ্যান প্রভৃতি অনেক দেব-দেবীর অলৌকিক চরিত এবং সাধুভক্তদের কাছে নিজ স্বরূপ প্রকাশ করার বৃত্তান্ত এভাবে সময়ে সময়ে গদাধরের কানে আসত। বালক নিজের শ্রুতিধরত্বগুণে সেগুলি শুনে আয়ত্ত করে রাখত এবং তেমন উপাখ্যানের ছাপা গ্রন্থ বা পুঁথি পেলে কখনও কখনও তা স্বহস্তে লিখেও নিত। কামারপুকুরের বাড়িতে খোঁজ করে গদাধরের স্বহস্তলিখিত রামকৃষ্ণায়ণ পুঁথি, যোগাদ্যার পালা, সুবাহুর পালা প্রভৃতি দেখতে পেয়েই আমরা সে কথা জেনেছিলাম। সেই সব উপাখ্যানও যে বালক অনুরোধে পড়ে গ্রামের সরলচিত্ত নরনারীর কাছে এই সময়ে বহুবার পাঠ ও আবৃত্তি করত, তাতে সন্দেহ নেই।
গণিতশাস্ত্রে বালকের উদাসীনতার কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। কিন্তু পাঠশালায় গিয়ে সে ওই বিষয়েও উন্নতি করেছিল। আমরা শুনেছি, ধারাপাতে কাঠাকিয়া পর্যন্ত এবং পাটীগণিতে তেরিজ থেকে আরম্ভ করে সামান্য সামান্য গুণ-ভাগ পর্যন্ত তার শিক্ষা অগ্রসর হয়েছিল। কিন্তু সে যখন দশ বছরে পা দিল এবং ধ্যানের পরিণতিতে তার মধ্যে মধ্যে ওইভাবে সমাধি হতে লাগল, তখন অগ্রজ রামকুমারপ্রমুখ বাড়ির সকলে তার বায়ুরোগ হয়েছে ভেবে তাকে যখন ইচ্ছা পাঠশালায় যাওয়ার ও যা ইচ্ছা শেখার স্বাধীনতা দিয়েছিলেন; সেজন্য কোনো বিষয়ে তার শিক্ষা অগ্রসর হচ্ছে না দেখলেও শিক্ষক তা নিয়ে তাকে কখনও পীড়াপীড়ি করেননি। সুতরাং গদাধরের পাঠশালার শিক্ষা যে এখন থেকে বিশেষ অগ্রসর হল না, তা আর বলতে হবে না।
রামেশ্বরের ও সর্বমঙ্গলার বিবাহ
এভাবে দুই বছর কেটে গেল এবং গদাধর ক্রমে বারো বছরে পা দিল। তার মেজ ভাই রামেশ্বর এখন বাইশ বছরে এবং ছোট বোন সর্বমঙ্গলা নয় বছরে পা দিল। শ্রীযুক্ত রামকুমার রামেশ্বরের বিবাহের বয়স হয়েছে দেখে কামারপুকুরের নিকটবর্তী গৌরহাটি নামে এক গ্রামের শ্রীযুক্ত রামসদয় বন্দ্যোপাধ্যায়ের বোনের সঙ্গে তার সম্বন্ধ স্থির করলেন এবং রামসদয়কে নিজের বোন সর্বমঙ্গলার সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ করলেন। এভাবে বিনিময়ে রামেশ্বরের বিবাহসম্বন্ধ স্থির হওয়ায় কন্যাপক্ষকে পণ দেওয়ার জন্য শ্রীযুক্ত রামকুমারকে ব্যস্ত হতে হল না। রামকুমারের পারিবারিক জীবনে এই সময়ে অন্য একটি বিশেষ ঘটনাও ঘটেছিল। যৌবনের অবসানেও তাঁর সহধর্মিণী গর্ভধারণ না করায় সকলে তাঁকে এতকাল বন্ধ্যা বলে ধরে নিয়েছিল। তাঁকে এখন গর্ভবতী দেখে পরিবারের সকলের মনে যুগপৎ আনন্দ ও শঙ্কা জাগল। কারণ, গর্ভধারণ করলেই তাঁর পত্নীর মৃত্যু হবে, এ কথা তাঁদের কেউ কেউ আগে রামকুমারের কাছে শুনেছিলেন।
গর্ভবতী হয়ে রামকুমার–পত্নীর স্বভাবের পরিবর্তন
সে যা হোক, পত্নীর গর্ভধারণের সময় থেকে শ্রীযুক্ত রামকুমারের ভাগ্যচক্রে বিশেষ পরিবর্তন এসে উপস্থিত হল। যেসব উপায়ে তিনি এতদিন বেশ দুপয়সা রোজগার করছিলেন, সেগুলি থেকে এখন আর আগের মতো আয় হচ্ছিল না এবং তাঁর শারীরিক স্বাস্থ্যও এখন থেকে ভেঙে পড়ায় তিনি আর আগের মতো কর্মঠ রইলেন না। তাঁর পত্নীর আচরণও এখন যেন ভিন্ন রকম হয়ে উঠল। তাঁর পূজ্যপাদ পিতার সময় থেকে সংসারে এই নিয়ম চলে আসছিল যে, অনুপবীত বালক ও অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ কখনও ৺রঘুবীরের পূজার আগে জলগ্রহণ করবে না। তাঁর পত্নী এখন সেই নিয়ম ভঙ্গ করতে লাগলেন এবং অমঙ্গলের আশঙ্কা করে বাড়ির অন্য সকলে এ নিয়ে প্রতিবাদ করলে তিনি তাঁদের কথায় কর্ণপাত করতেন না। সামান্য সামান্য ব্যাপার নিয়ে তিনি পরিবারের সকলের সঙ্গে বিবাদ ও মনোমালিন্য সৃষ্টি করতে লাগলেন এবং শ্রীমতী চন্দ্রাদেবী ও স্বামী রামকুমারের কথাতেও সেই সব বিপরীত আচরণ ছাড়লেন না। গর্ভাবস্থায় স্ত্রীলোকের স্বভাবের পরিবর্তন হয় ভেবে তাঁরা সেই সব আচরণের বিরুদ্ধে আর কিছু না বললেও কামারপুকুরের ধর্মের সংসারে এখন এভাবে শান্তির পরিবর্তে অনেক সময়ে অশান্তি দেখা দিতে লাগল।
রামকুমারের সাংসারিক অবস্থার পরিবর্তন
আবার শ্রীযুক্ত রামকুমারের মেজ ভাই রামেশ্বর এখন কৃতবিদ্য হলেও বিশেষ উপার্জনক্ষম হয়ে উঠলেন না। সুতরাং পরিবারের লোকসংখ্যা বাড়ার সঙ্গে আয় কমে সংসারে আগের মতো সচ্ছলতা রইল না। শ্রীযুক্ত রামকুমার সেজন্য চিন্তিত হয়ে নানা উপায় উদ্ভাবন করেও তার প্রতিকার করতে পারলেন না। কে যেন সেই সব উপায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সেগুলিকে ফলবান হতে দিল না! এভাবে চিন্তার উপর চিন্তা এসে রামকুমারের জীবন ভারাক্রান্ত করে তুলল এবং দিন, পক্ষ, মাস কেটে ক্রমে তাঁর পত্নীর প্রসবকাল এগিয়ে আসছে দেখে তিনি নিজের পূর্বদর্শন স্মরণ করে আরও বিষণ্ণ হতে লাগলেন।
রামকুমার-পত্নীর পুত্র-প্রসবের পর মৃত্যু
ক্রমে সেই কাল সত্যি সত্যিই উপস্থিত হল এবং শ্রীযুক্ত রামকুমারের সহধর্মিণী সন ১২৫৫ সালের কোনো সময়ে এক পরম রূপবান তনয় প্রসব করে তার মুখ নিরীক্ষণ করতে করতে আঁতুড়ঘরেই স্বর্গারোহণ করলেন। রামকুমারের দরিদ্র সংসারে সেই ঘটনায় শোকের নিবিড় যবনিকা আবার নেমে এল।
_________________________________________________
[1] এই ঘটনার সবিস্তার বৃত্তান্তের জন্য ‘সাধকভাব – ২য় অধ্যায়’ দ্রষ্টব্য।
[2] এই ঘটনার বিস্তৃত বিবরণের জন্য ‘গুরুভাব, পূর্বার্ধ – ৪র্থ অধ্যায়’ দ্রষ্টব্য।
[3] ‘সাধকভাব’ দ্বিতীয় অধ্যায় দ্রষ্টব্য।
রামকুমারের কলিকাতায় টোল খোলা
পত্নী পরলোকে গমন করলেন, কিন্তু রামকুমারের দুঃখ দুর্দিনের অবসান হল না। বিদায়-আদায় কমে যাওয়ায় অর্থের অভাবে দিন দিন তাঁর সাংসারিক অবস্থার অবনতি হতে লাগল। লক্ষ্মীজলার জমিখণ্ডে তখনও পর্যাপ্ত ধান হলেও কাপড়চোপড় ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব সংসারে প্রতিদিন বেড়ে যেতে লাগল। তার উপর তাঁর বৃদ্ধা মায়ের ও মাতৃহীন শিশু অক্ষয়ের জন্য তখন প্রতিদিন দুধের দরকার হত। সুতরাং ঋণ করে এসব প্রয়োজন মেটাতে হল এবং ঋণজাল প্রতিদিন বাড়তেই থাকল, কমল না। অশেষ চিন্তা করে ও নানা উপায় অবলম্বন করেও রামকুমার তা ঠেকাতে পারলেন না। তখন বন্ধুবান্ধবের পরামর্শে অন্যত্র গেলে আয় বাড়তে পারে বুঝে তিনি তার জন্য প্রস্তুত হতে লাগলেন। তাঁর শোকসন্তপ্ত মনও এতে সাহ্লাদে সম্মতি দিল। কারণ, প্রায় ত্রিশ বছর যাঁকে জীবনসঙ্গিনী করে সংসার পেতেছিলেন, তাঁর স্মৃতি যে বাড়ির সর্বত্র জড়িয়ে রয়েছে, সেই বাড়ি থেকে দূরে থাকলেই এখন শান্তিলাভের সম্ভাবনা। তাই কলিকাতা বা বর্ধমান, কোথায় গেলে বেশি অর্থাগমের সম্ভাবনা, এই নিয়ে পরামর্শ চলতে লাগল। পরিশেষে স্থির হল, কলিকাতাতেই যাওয়া কর্তব্য; কারণ, সিহড়গ্রামের মহেশচন্দ্র চট্টোপাধ্যায়, দেশড়ার রামধন ঘোষ প্রভৃতি তাঁর পরিচিত অনেক লোক সেখানে গিয়ে উপার্জনের সুবিধা করে নিজ নিজ সংসারের বেশ শ্রীবৃদ্ধি করেছে—এ কথা তাঁর বন্ধুরা বলতে লাগলেন। সেই সব লোক যে তাঁর চেয়ে বিদ্যা, বুদ্ধি ও চরিত্রবলে অনেকাংশে হীন, এ কথাও তাঁরা তাঁকে বলতে ভুললেন না। তাই পত্নীবিয়োগের অল্পদিন পরেই শ্রীযুক্ত রামকুমার রামেশ্বরের উপর সংসারের ভার দিয়ে কলিকাতায় এলেন এবং ঝামাপুকুর নামের পাড়ায় টোল খুলে ছাত্রদের পড়াতে শুরু করলেন।
রামকুমার–পত্নীর মৃত্যুতে পারিবারিক পরিবর্তন
রামকুমারের পত্নীর মৃত্যুতে কামারপুকুরের পারিবারিক জীবনে অনেক পরিবর্তন দেখা দিল। শ্রীমতী চন্দ্রা এই ঘটনায় গৃহকর্মের সমস্ত ভার আবার নিতে বাধ্য হলেন। রামকুমারের পুত্র অক্ষয়ের লালনপালনের ভারও সেদিন থেকে তাঁর কাঁধে এসে পড়ল। তাঁর মেজ ছেলে রামেশ্বরের পত্নী তাঁকে এসব কাজে যথাসাধ্য সাহায্য করতে লাগল; কিন্তু সে তখনও নিতান্ত বালিকা, তার কাছ থেকে বিশেষ সাহায্য পাওয়ার সম্ভাবনা ছিল না। সুতরাং ৺রঘুবীরের সেবা, অক্ষয়ের লালনপালন এবং রান্নাবান্না প্রভৃতি গৃহকর্ম সবই তাঁকে তখন করতে হত। এসব কাজ সারতে তাঁর সমস্ত দিন কেটে যেত, বিশ্রামের জন্য তিলার্ধ অবসর থাকত না। আটান্ন বছর বয়সে সংসারের সমস্ত ভার এভাবে কাঁধে নেওয়া সুখসাধ্য না হলেও শ্রীশ্রীরঘুবীরের এমনই ইচ্ছা বুঝে চন্দ্রাদেবী তা বিনা অভিযোগে বহন করতে লাগলেন।
রামেশ্বরের কথা
অন্যদিকে সংসারের আয়ব্যয়ের ভার তখন থেকে শ্রীযুক্ত রামেশ্বরের উপর এসে পড়ায় তিনি কীভাবে উপার্জন করে পরিবারের লোকজনকে সুখী করতে পারবেন, সেই চিন্তায় ব্যস্ত রইলেন; কিন্তু কৃতবিদ্য হলেও তিনি কোনোকালে বিশেষ উপার্জনক্ষম হয়েছিলেন বলে আমরা শুনিনি। তার উপর পরিব্রাজক সাধু ও সাধকদের দেখতে পেলে তিনি তাঁদের সঙ্গে অনেকটা সময় কাটাতেন এবং তাঁদের কোনো অভাব দেখলে তা মেটাতে অনেক সময়ে অতিরিক্ত ব্যয় করতে কুণ্ঠিত হতেন না। সুতরাং আয় বাড়লেও তিনি সংসারের ঋণ শোধ করতে অথবা বিশেষ সচ্ছলতা আনতে পারলেন না। কারণ, সংসারী হলেও তিনি সঞ্চয়ী হতে পারলেন না এবং সময়ে সময়ে আয়ের বেশি ব্যয় করে ‘৺রঘুবীর কোনোরকমে চালিয়ে দেবেন’ ভেবে দিন কাটাতে লাগলেন।
গদাধরের সম্বন্ধে রামেশ্বরের চিন্তা
ছোট ভাই গদাধরকে প্রাণ দিয়ে ভালোবাসলেও শ্রীযুক্ত রামেশ্বর তার লেখাপড়া এগোচ্ছে কি না, তা কোনোকালে লক্ষ করতেন না। কারণ, একে এমন করা তাঁর স্বভাবের বিরুদ্ধ ছিল, তার উপর অর্থচিন্তায় তাঁকে নানা জায়গায় যাতায়াত করতে হত। সুতরাং সেদিকে লক্ষ করার ইচ্ছা ও সময়, দুটোরই তখন তাঁর অভাব ছিল। আবার এই অল্প বয়সেই বালকের ধর্মপ্রবৃত্তির অদ্ভুত বিকাশ দেখে তাঁর দৃঢ় ধারণা হয়েছিল, তার প্রকৃতি তাকে সুপথ ছাড়া কখনও কুপথে নিয়ে যাবে না। পল্লির সব নরনারীকে তার উপর প্রগাঢ় বিশ্বাস রাখতে এবং তাকে পরমাত্মীয় বলে ভালোবাসতে দেখে তাঁর সেই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল। কারণ, তিনি বুঝতেন, বিশেষ সৎ ও উদারচরিত্র না হলে কেউ কখনও সংসারে সকলের চিত্ত আকর্ষণ করে তাদের প্রশংসাভাজন হতে পারে না। সেজন্য বালকের উজ্জ্বল ভবিষ্যতের কল্পনায় তাঁর হৃদয় আনন্দিত হয়ে উঠত এবং তিনি সর্বদা নিশ্চিন্ত থাকতেন। সুতরাং রামকুমার যখন কলিকাতায় গেলেন, গদাধর তখন তেরো বছরে পা দিয়েছে; সে একরকম অভিভাবকশূন্য হয়ে পড়ল এবং তার উন্নত প্রকৃতি তাকে যেদিকে ফেরাত, সে এবার অবাধে সেই পথেই চলতে লাগল।
গদাধরের মনের এই সময়ের অবস্থা ও কার্যকলাপ
আমরা ইতিপূর্বে দেখেছি, গদাধরের সূক্ষ্মদৃষ্টি তাকে এই অল্প বয়সেই প্রত্যেক ব্যক্তি ও কাজের উদ্দেশ্য লক্ষ করতে শিখিয়েছিল। সুতরাং অর্থলাভের সুবিধা হবে বলেই যে পাঠশালায় লেখাপড়া করতে এবং টোলে উপাধি-ভূষিত হতে লোকে চেষ্টা করে, এ কথা বুঝতে তার দেরি হয়নি। আবার, অশেষ আয়াস স্বীকার করে সেই অর্থ উপার্জন করলেও এবং তা দিয়ে সাংসারিক ভোগসুখ লাভ করলেও লোকে তার পিতার মতো সত্যনিষ্ঠা, চরিত্রবল এবং ধর্ম লাভ করতে পারে না, এও সে দিন দিন দেখতে পাচ্ছিল। গ্রামের কোনো কোনো পরিবারের লোকেরা স্বার্থসুখে অন্ধ হয়ে বিষয়সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে বিবাদ ও মামলা-মোকদ্দমা বাধিয়ে বাড়ি ও জমিজমায় দড়ি ফেলে ‘এই দিকটা আমার, ওই দিকটা ওর’ ইত্যাদি আজ ঠিক করে নিয়ে কয়েক দিন সেই বিষয় ভোগ করতে না করতেই শমনসদনে চলে গেল—এমন সব দৃষ্টান্ত কখনও কখনও দেখে বালক বিশেষভাবে বুঝেছিল, অর্থ ও ভোগলালসা মানবজীবনের অনেক অনর্থ ঘটায়। সুতরাং অর্থকরী বিদ্যার্জনে সে যে এখন দিন দিন উদাসীন হবে এবং পিতার মতো ‘মোটা-ভাত-কাপড়ে’ সন্তুষ্ট থেকে ঈশ্বরের প্রীতিলাভকে মনুষ্য-জীবনের সারোদ্দেশ্য বলে বুঝবে, তা বিচিত্র নয়। সেজন্য বয়স্যদের প্রতি প্রেমের টানে গদাধর পাঠশালায় প্রায় প্রতিদিন কোনো না কোনো সময়ে গেলেও তখন থেকে ৺রঘুবীরের সেবাপূজায় এবং গৃহকর্মে সাহায্য করে মায়ের পরিশ্রম কমিয়ে বেশির ভাগ সময় কাটাতে লাগল। এসব কাজে ব্যস্ত হয়ে বেলা তৃতীয় প্রহর পর্যন্ত তাকে তখন প্রায়ই বাড়িতে থাকতে হত।
পল্লিরমণীদের কাছে গদাধরের পাঠ ও সংকীর্তনাদি
গদাধর এভাবে বাড়িতে বেশি সময় কাটাত বলে পল্লিরমণীদের তার সঙ্গে মেলামেশার বিশেষ সুযোগ হয়েছিল। কারণ, গৃহকর্ম শেষ করে তাঁদের অনেকে অবসর সময়ে শ্রীমতী চন্দ্রার কাছে আসতেন এবং বালককে সেখানে দেখতে পেয়ে কখনও গান করতে এবং কখনও ধর্মোপাখ্যান পাঠ করতে অনুরোধ করতেন। বালকও তাঁদের সেই সব অনুরোধ যথাসাধ্য রাখার চেষ্টা করত। চন্দ্রাদেবীকে গৃহকর্মে সাহায্য করার জন্য তার সময় নেই দেখলে তাঁরা আবার সকলে মিলে শ্রীমতী চন্দ্রার কাজগুলি করে দিয়ে তার মুখে পুরাণকথা ও সংগীতাদি শোনার অবসর করে নিতেন। এভাবে তাঁদের কাছে কিছুক্ষণ পাঠ ও গান করা গদাধরের একটি নিত্যকর্ম হয়ে উঠেছিল। রমণীরাও তাতে এত আনন্দ পেতেন যে, তা বেশিক্ষণ শোনার আশায় তাঁরা তখন থেকে নিজ নিজ গৃহকর্ম তাড়াতাড়ি শেষ করে চন্দ্রাদেবীর কাছে আসতে লাগলেন।
গদাধর এঁদের কাছে শুধু পুরাণপাঠই করত না, অন্য নানা উপায়েও এঁদের আনন্দ দিত। গ্রামে সেই সময়ে তিন দল যাত্রা, এক দল বাউল এবং দু-এক দল কবি ছিল। তা ছাড়া সেখানে বহু বৈষ্ণবের বসতি থাকায় অনেক বাড়িতেই প্রতিদিন সন্ধ্যায় ভাগবতপাঠ ও সংকীর্তনাদি হত। বাল্যকাল থেকে শুনে শুনে এবং নিজের স্বভাবসিদ্ধ প্রতিভায় সেই সব দলের পালা, গান ও সংকীর্তন গদাধরের আয়ত্ত ছিল। সেজন্য রমণীদের আনন্দ বাড়াতে সে কোনোদিন যাত্রার পালা, কোনোদিন বাউলের গান, কোনোদিন কবি এবং কোনোদিন বা সংকীর্তন ধরত। যাত্রার পালা বলার সময় সে ভিন্ন ভিন্ন স্বরে বিভিন্ন ভূমিকার কথাগুলি উচ্চারণ করে একাই সব চরিত্রের অভিনয় করত। আবার নিজের মা বা রমণীদের মধ্যে কাউকে কোনোদিন বিমর্ষ দেখলে সে ওই সব যাত্রার সঙের পালা অথবা সকলের পরিচিত গ্রামের কোনো লোকের বিচিত্র আচরণ ও হাবভাবের এমন স্বাভাবিক অনুকরণ করত যে, তাঁদের মধ্যে হাসি-কৌতুকের তরঙ্গ ছুটত।
পল্লিরমণীদের গদাধরের প্রতি ভক্তি ও বিশ্বাস
সে যা হোক, গদাধর এভাবে এঁদের হৃদয়ে ক্রমে অপূর্ব প্রভাব বিস্তার করেছিল। বালকের জন্মগ্রহণের সময় তার জনক-জননী যে সব অদ্ভুত স্বপ্ন ও দিব্যদর্শন লাভ করেছিলেন, সে সবের কথা এঁরা আগেই শুনেছিলেন। আবার দেবদেবীর ভাবাবেশে সময়ে সময়ে তার যে অদৃষ্টপূর্ব অবস্থান্তর ঘটত, তাও তাঁরা স্বচক্ষে দেখেছিলেন। সুতরাং তার জ্বলন্ত দেবভক্তি, তন্ময় হয়ে পুরাণপাঠ, মধুর কণ্ঠে সংগীত এবং তাঁদের প্রতি আত্মীয়ের মতো সরল উদার আচরণ যে তাঁদের কোমল হৃদয়ে এমন অপূর্ব ভক্তি-ভালোবাসা জাগাবে, তা বিচিত্র নয়। আমরা শুনেছি, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী-প্রমুখ বর্ষীয়সী রমণীরা বালকের ভিতরে বালগোপালের দিব্য প্রকাশ অনুভব করে তাকে পুত্রের অধিক স্নেহ করতেন এবং তাঁদের চেয়ে স্বল্পবয়স্কা রমণীরাও তেমনই তাকে ভগবান শ্রীকৃষ্ণের অংশসম্ভূত বলে বিশ্বাস করে তার সঙ্গে সখ্যভাবে সম্বদ্ধ হয়েছিলেন। রমণীদের অনেকেই বৈষ্ণববংশে জন্মগ্রহণ করেছিলেন এবং সরল কবিতাময় বিশ্বাসই তাঁদের ধর্মজীবনের প্রধান অঙ্গ ছিল; সুতরাং অশেষগুণসম্পন্ন প্রিয়দর্শন বালককে দেবতা বলে বিশ্বাস করা তাঁদের পক্ষে বিচিত্র ছিল না। সে যা হোক, এমন বিশ্বাসে তাঁরা তখন গদাধরের সঙ্গে মিশে তাকে নিঃসংকোচে নিজ নিজ মনের কথা খুলে বলতেন এবং অনেক বিষয়ে তার পরামর্শ নিয়ে তা কাজে লাগাতে চেষ্টা করতেন। গদাধরও তাঁদের সঙ্গে এমনভাবে মিশত যে, অনেক সময়ে তাকে তাঁদেরই একজন বলে মনে হত।[1]
রমণীবেশে গদাধর
গদাধর কখনও কখনও রমণীর বেশভূষা পরে তাঁদের কাছে বিশেষ বিশেষ নারীচরিত্রের অভিনয় করত। এভাবে শ্রীমতী রাধারানীর অথবা তাঁর প্রধানা সখী বৃন্দার ভূমিকা নিলে তাঁরা তাকে অনেক সময় রমণীর বেশভূষায় সজ্জিত হতে অনুরোধ করতেন। বালকও তাঁদের সেই অনুরোধ রাখত। সেই সময়ে তার হাবভাব, কথাবার্তা, চালচলন প্রভৃতি অবিকল নারীর মতো হত। রমণীরা তা দেখে বলতেন, নারী সাজলে গদাধরকে পুরুষ বলে কেউই চিনতে পারে না। এতে বোঝা যায়, বালক নারীদের প্রত্যেক কাজ আগে কত তন্ন তন্ন করে লক্ষ করেছিল। রঙ্গপ্রিয় বালক এই সময়ে কোনো কোনো দিন রমণীর মতো বেশভূষা করে কাঁখে কলসি নিয়ে পুরুষদের সামনে দিয়ে হালদারপুকুরে জল আনতে যেত এবং কেউই তাকে সেই বেশে চিনতে পারত না।
সীতানাথ পাইনের পরিবারের সঙ্গে গদাধরের সৌহৃদ্য
গ্রামের ধনী গৃহস্থ সীতানাথ পাইনদের কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। সীতানাথের সাত ছেলে ও আট মেয়ে ছিল এবং মেয়েরা বিয়ের পরেও সীতানাথের বাড়িতে একান্নে থাকত। শোনা যায়, সীতানাথের বড় গোষ্ঠীর জন্য প্রতিদিন দশখানা শিলে বাটনা বাটা হত, রান্নায় এত মশলার দরকার হত! তা ছাড়া সীতানাথের দূরসম্পর্কের আত্মীয়স্বজনের অনেকে আবার তাঁর বাড়ির পাশে বাড়ি করে বাস করত। সেজন্য কামারপুকুরের এই অংশ বণিকপল্লী নামে প্রসিদ্ধ ছিল এবং তা ক্ষুদিরামের বাড়ির খুব কাছে থাকায় বণিক রমণীদের অনেকে অবসর সময়ে চন্দ্রাদেবীর কাছে আসতেন, বিশেষত আবার সীতানাথের স্ত্রী ও মেয়েরা। সুতরাং গদাধরের সঙ্গে এঁদের তখন বিশেষ সৌহৃদ্য গড়ে উঠল। এঁরা বালককে অনেক সময়ে নিজেদের বাড়িতে নিয়ে যেতেন এবং রমণী সেজে ওইভাবে অভিনয়াদি করতে অনুরোধ করতেন। অভিভাবকদের নিষেধে এঁদের আত্মীয়া রমণীদের অনেকে এঁদের বাড়ি ছাড়া অন্যত্র যেতে পারতেন না এবং সেজন্য গদাধরের পাঠ ও সংগীতাদি শোনা তাঁদের ভাগ্যে ঘটত না বলেই বোধ হয় এঁরা বালককে এভাবে নিজেদের বাড়িতে যেতে নিমন্ত্রণ করতেন। যাঁরা চন্দ্রাদেবীর কাছে যেতেন না, বণিকপল্লীর ভিতরে এমন অনেক রমণীও এভাবে গদাধরের ভক্ত হয়ে উঠেছিলেন এবং সে সীতানাথের বাড়িতে গেলে তাঁরা লোকমুখে খবর পেয়ে সেখানে এসে তার পাঠ শুনে ও অভিনয়াদি দেখে আনন্দ পেতেন। বাড়ির কর্তা সীতানাথ গদাধরকে বিশেষভাবে ভালোবাসতেন এবং বণিকপল্লীর অন্যান্য পুরুষেরাও তার সদ্গুণগুলি জানতেন। সেজন্য তাঁদের বাড়ির রমণীরা তার কাছে এমন করে সংগীত-সংকীর্তনাদি শোনেন জেনেও তাঁরা তাতে আপত্তি করতেন না।
বণিকপল্লীর দুর্গাদাস পাইন নামে এক ব্যক্তিই কেবল এ বিষয়ে আপত্তি করতেন এবং গদাধরকে নিজে শ্রদ্ধা-ভক্তি করলেও অন্দরের কঠোর অবরোধপ্রথা কারও জন্য কোনোকালে শিথিল হতে দিতেন না। তাঁর অন্তঃপুরের কথা কেউ জানতে পারে না এবং তাঁর বাড়ির রমণীদের কেউ কখনও দেখেনি বলে তিনি সীতানাথ-প্রমুখ তাঁর আত্মীয়স্বজনের কাছে সময়ে সময়ে অহংকারও করতেন। বস্তুত, সীতানাথ প্রমুখ তাঁর মতো কঠোর অবরোধপ্রথার পক্ষপাতী ছিলেন না বলে তিনি তাঁদের হীন জ্ঞান করতেন।
দুর্গাদাস পাইনের অহংকার চূর্ণ হওয়া
দুর্গাদাস একদিন তাঁর এক আত্মীয়ের কাছে এভাবে অহংকার করছিলেন, এমন সময়ে গদাধর সেখানে এসে তা শুনে বলল, “অবরোধ-প্রথা দিয়ে রমণীদের কখনও কি রক্ষা করা যায়? সৎশিক্ষা ও দেবভক্তির প্রভাবেই তাঁরা সুরক্ষিত হন; ইচ্ছা করলে আমি তোমার অন্দরের সকলকে দেখতে ও সমস্ত কথা জানতে পারি।” দুর্গাদাস তা শুনে আরও অহংকার করে বললেন, “কেমন জানতে পারো, জানো দেখি?” গদাধরও তখন ‘আচ্ছা দেখা যাবে’ বলে সেদিন চলে এল। পরে একদিন বিকেলে কাউকে কিছু না বলে বালক মোটা মলিন একখানা শাড়ি ও রুপোর পৈঁছা প্রভৃতি পরে দরিদ্রা তন্তুবায়-রমণীর মতো বেশ ধরে একটি চুবড়ি কাঁখে নিয়ে ও ঘোমটায় মুখ ঢেকে সন্ধ্যার মুখে হাটের দিক থেকে দুর্গাদাসের বাড়ির সামনে এসে হাজির হল। দুর্গাদাস বন্ধুবান্ধবের সঙ্গে তখন বাইরবাড়িতেই বসে ছিলেন। রমণীবেশধারী গদাধর তাঁকে নিজের পরিচয় দিল—সে তন্তুবায়-রমণী, অন্য গ্রাম থেকে হাটে সুতো বেচতে এসেছিল, সঙ্গিনীরা ফেলে যাওয়ায় বিপদে পড়েছে—এবং রাতের জন্য আশ্রয় চাইল। দুর্গাদাস তখন তার কোন গ্রামে বাস ইত্যাদি দু-একটি প্রশ্ন করে উত্তর শুনে বললেন, “আচ্ছা, অন্দরে স্ত্রীলোকদের কাছে গিয়ে আশ্রয় নাও।” গদাধর এবার তাঁকে প্রণাম করে কৃতজ্ঞতা জানিয়ে অন্দরে ঢুকল এবং রমণীদের কাছেও আগের মতো আত্মপরিচয় দিয়ে নানা কথাবার্তায় তাঁদের খুশি করল। তার অল্প বয়স দেখে এবং মধুর কথায় প্রসন্ন হয়ে দুর্গাদাসের অন্তঃপুরচারিণীরা তাকে থাকতে দিলেন এবং তার বিশ্রামের জায়গা ঠিক করে দিয়ে জলযোগ করার জন্য মুড়ি-মুড়কি প্রভৃতি দিলেন। গদাধর তখন নির্দিষ্ট জায়গায় বসে তা খেতে খেতে অন্দরের সব ঘর ও প্রত্যেক রমণীকে তন্ন তন্ন করে লক্ষ করতে লাগল, তাঁদের পরস্পরের কথাবার্তাও শুনতে লাগল। তাঁদের কথাবার্তায় মধ্যে মধ্যে যোগ দিতে এবং এটা-ওটা জিজ্ঞাসা করতেও সে ভুলল না। এভাবে প্রায় এক প্রহর রাত কেটে গেল। এদিকে এত রাত হলেও সে বাড়ি ফিরল না দেখে চন্দ্রাদেবী রামেশ্বরকে তার খোঁজে পাঠালেন এবং বণিকপল্লীতে সে প্রায়ই যায় জেনে তাকে সেখানে খুঁজতে বলে দিলেন। রামেশ্বর তাই প্রথমে সীতানাথের বাড়িতে গিয়ে জানলেন, বালক সেখানে আসেনি। তারপর দুর্গাদাসের বাড়ির কাছে গিয়ে তার নাম ধরে জোরে ডাকতে লাগলেন। তাঁর গলা শুনতে পেয়ে গদাধর অনেক রাত হয়েছে বুঝে দুর্গাদাসের অন্দর থেকে ‘দাদা, যাচ্ছি গো’ বলে উত্তর দিয়ে দ্রুত পায়ে তাঁর কাছে এসে হাজির হল। দুর্গাদাস তখন সব কথা বুঝলেন এবং বালক তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে ঠকাতে পেরেছে ভেবে প্রথমে অপ্রতিভ ও কিছু রুষ্ট হলেও পরক্ষণেই তার দরিদ্রা তন্তুবায়-রমণীর বেশ ও চালচলনের অনুকরণ কতটা স্বাভাবিক হয়েছে ভেবে হাসতে লাগলেন। সীতানাথ প্রমুখ দুর্গাদাসের আত্মীয়েরা পরদিন সে কথা জানতে পেরে গদাধরের কাছে তাঁর অহংকার চূর্ণ হয়েছে বলে আনন্দ করতে লাগলেন। তখন থেকে সীতানাথের বাড়িতে বালক এলে দুর্গাদাসের অন্তঃপুরচারিণীরাও তার কাছে আসতে লাগলেন।
বণিকপল্লীর রমণীদের গদাধরের প্রতি ভক্তি–বিশ্বাস
সীতানাথের পরিবারের এবং বণিকপল্লীর অন্যান্য রমণীরা ক্রমে গদাধরের প্রতি বিশেষ অনুরক্ত হয়ে উঠেছিলেন। বালক তাঁদের কাছে কিছুদিন না এলেই তাঁরা তাকে ডেকে পাঠাতেন। সীতানাথের বাড়িতে পাঠ ও সংগীতাদি করার সময় গদাধরের কখনও কখনও ভাবাবেশ হত। তা দেখে তার প্রতি রমণীদের ভক্তি বিশেষ প্রবৃদ্ধ হয়ে উঠেছিল। আমরা শুনেছি, এমন ভাবসমাধির সময় তাঁদের অনেকে বালককে ভগবান শ্রীগৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণের জীবন্ত বিগ্রহজ্ঞানে পূজা করেছিলেন এবং অভিনয়ের সময় তার সুবিধা হবে বলে তাঁরা একটি সোনার মুরলী এবং স্ত্রী ও পুরুষ-চরিত্রের অভিনয়ের উপযোগী বিবিধ পরিচ্ছদ তৈরি করিয়েছিলেন।
ধর্মপ্রবণ, পূতস্বভাব, তীক্ষ্ণবুদ্ধি ও প্রত্যুৎপন্নমতি গদাধর সপ্রেম, সরল ও অমায়িক ব্যবহারে পল্লিরমণীদের উপরে এই সময়ে যে প্রভাব বিস্তার করেছিল, তার বিবরণ আমরা তাঁদের কারও কারও মুখে সময়ে সময়ে শোনার সুযোগ পেয়েছিলাম। সন ১২৯৯ সালের বৈশাখের শুরুতে শ্রীযুক্ত রামকৃষ্ণানন্দ স্বামী প্রমুখ আমরা কয়েকজন কামারপুকুর দর্শনে গিয়ে সীতানাথ পাইনের কন্যা শ্রীমতী রুক্মিণীর সাক্ষাৎ পেয়েছিলাম। তাঁর বয়স তখন আন্দাজ ষাট বছর। শ্রীযুক্ত গদাধরের ওই প্রভাব সম্বন্ধে তিনি আমাদের যা বলেছিলেন, এখানে তা বললে পাঠক বিষয়টি স্পষ্ট উপলব্ধি করতে পারবেন। শ্রীমতী রুক্মিণী বলেছিলেন –
গদাধরের সম্বন্ধে শ্রীমতী রুক্মিণীর কথা
“আমাদের বাড়ি এখান থেকে একটু উত্তরে—ওই দেখা যাচ্ছে। আজকাল আমাদের বাড়ির ভাঙা অবস্থা, পরিবারের লোকজন একরকম নেই বললেই হয়। কিন্তু আমার বয়স যখন সতেরো-আঠারো বছর, তখন বাড়িটি দেখলে লক্ষ্মীমন্তের বাড়ি বলে মনে হত। আমার পিতার নাম ৺সীতানাথ পাইন। খুড়তুতো জাঠতুতো সকলকে ধরে সবসুদ্ধ আমরা সতেরো-আঠারোটি বোন ছিলাম এবং বয়সে পরস্পর দু-পাঁচ বছরের ছোট-বড় হলেও তখন সকলে যৌবনে পা দিয়েছিলাম। গদাধর বাল্যকাল থেকে আমাদের সঙ্গে খেলাধুলা করতেন। সেজন্য আমাদের সঙ্গে তাঁর খুব ভাব ছিল। আমরা যৌবনে পা দিলেও তিনি আমাদের বাড়িতে যেতেন এবং এমনি করে তিনি বড় হওয়ার পরেও আমাদের বাড়ির অন্দরে যাতায়াত করতেন। বাবা তাঁকে বড় ভালোবাসতেন—নিজের ইষ্টের মতো দেখতেন ও ভক্তি-শ্রদ্ধা করতেন। পাড়ায় কেউ কেউ তাঁকে বলত, ‘তোমার বাড়িতে অতগুলো যুবতী মেয়ে রয়েছে, গদাধরও এখন বড় হয়েছে, তাকে এখনও অত বাড়ির ভিতরে যেতে দাও কেন?’ বাবা তা শুনে বলতেন, ‘তোমরা নিশ্চিন্ত থাকো, আমি গদাধরকে খুব চিনি।’ তারা সাহস করে আর কিছু বলতে পারত না। গদাধর বাড়ির অন্দরে এসে আমাদের কত পুরাণকথা বলতেন, কত রঙ্গ-পরিহাস করতেন। আমরা প্রায় প্রতিদিন সেসব শুনতে শুনতে আনন্দে ঘরের কাজকর্ম করতাম। তিনি যখন আমাদের কাছে থাকতেন, তখন কত আনন্দে যে সময় কেটে যেত তা এক মুখে আর কী বলব! যেদিন তিনি না আসতেন, সেদিন তাঁর অসুখ হয়েছে ভেবে আমাদের মন ছটফট করত। সেদিন যতক্ষণ না আমাদের কেউ জল আনার বা অন্য কোনো কাজের দোহাই দিয়ে বামুন-মার (চন্দ্রাদেবীর) সঙ্গে দেখা করে তাঁর খবর নিয়ে আসত, ততক্ষণ আমাদের কারও প্রাণে শান্তি থাকত না। তাঁর প্রত্যেকটি কথা আমাদের অমৃতের মতো লাগত। সেজন্য তিনি যেদিন আমাদের বাড়িতে না আসতেন, সেদিন তাঁর কথা নিয়েই আমরা দিন কাটাতাম।”
পল্লির পুরুষদের গদাধরের প্রতি অনুরক্তি
কেবলমাত্র রমণীদের সঙ্গে এভাবে মিশেই গদাধর ক্ষান্ত ছিল না। তার সর্বতোমুখী উদ্ভাবনী শক্তি এবং সকলের সঙ্গে প্রেমপূর্ণ আচরণ তাকে গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা সকলেরই সঙ্গে মিলিয়ে দিয়েছিল। প্রতিদিন সন্ধ্যায় গ্রামের বৃদ্ধ ও যুবকেরা যে সব জায়গায় মিলিত হয়ে ভাগবতাদি পুরাণপাঠ বা সংগীত-সংকীর্তনাদিতে আনন্দ পেতেন, সেই সব জায়গাতেই তার যাতায়াত ছিল। বালক সেই সব জায়গার যেখানে যেদিন উপস্থিত থাকত, সেখানে সেদিন আনন্দের বন্যা বয়ে যেত। কারণ, তার মতো পাঠ ও ধর্মতত্ত্বের ভক্তিপূর্ণ ব্যাখ্যা আর কেউই করতে পারত না। সংকীর্তনের সময় তার মতো ভাবোন্মত্ততা, তার মতো নতুন নতুন ভাবপূর্ণ আখর দেওয়ার শক্তি এবং তার মতো মধুর কণ্ঠ ও রমণীয় নৃত্য আর কারও ছিল না। আবার রঙ্গ-পরিহাসের আসরে তার মতো সঙ দিতে, তার মতো নরনারীর সবরকম আচরণ অনুকরণ করতে এবং তার মতো নতুন নতুন গল্প ও গান যথাস্থানে অপূর্বভাবে লাগিয়ে সকলের মনোরঞ্জন করতে অন্য কেউ পারত না। সুতরাং যুবক ও বৃদ্ধেরা সকলেই তার প্রতি বিশেষ অনুরক্ত হয়েছিলেন এবং প্রতিদিন সন্ধ্যায় তার আগমনের প্রতীক্ষা করতেন। বালকও সেইজন্য কোনোদিন এক জায়গায়, কোনোদিন অন্য জায়গায় তাঁদের সঙ্গে সমানভাবে মিশে তাঁদের আনন্দ বাড়াত।
আবার এই বয়সেই বালকের পরিণতবয়স্কের মতো বুদ্ধি থাকায় তাঁদের মধ্যে অনেকে নিজ নিজ সাংসারিক সমস্যার সমাধানের জন্য তার পরামর্শ নিতেন। ধার্মিক ব্যক্তিরাও তেমনই তার পূতস্বভাবে আকৃষ্ট হয়ে এবং ভগবৎ-নাম ও কীর্তনে তার ভাবসমাধি হতে দেখে তার পরামর্শ নিয়ে নিজ নিজ গন্তব্য পথে অগ্রসর হতেন।[2] কেবল ভণ্ড ও ধূর্তেরা তাকে দেখতে পারত না। কারণ, গদাধরের তীক্ষ্ণ বুদ্ধি তাদের উপরের মোহনীয় আবরণ ভেদ করে গোপন উদ্দেশ্যগুলি ধরে ফেলত এবং সত্যনিষ্ঠ, স্পষ্টবাদী বালক অনেক সময়ে সেগুলি সকলের কাছে কীর্তন করে তাদের অপদস্থ করত। শুধু তাই নয়, রঙ্গপ্রিয় গদাধর অনেক সময়ে অন্যের কাছে তাদের কপটাচরণের অনুকরণ করেও বেড়াত। এজন্য মনে মনে কুপিত হলেও সকলের প্রিয়, নির্ভীক বালকের তারা কিছুই করতে পারত না। সেজন্য তাদের অনেক সময়ে শরণাগত হয়ে গদাধরের হাত থেকে অব্যাহতি পেতে হত। কারণ শরণাগতের উপর বালকের অশেষ করুণা সর্বদা দেখা যেত।
গদাধরের অর্থকরী বিদ্যার্জনে উদাসীনতার কারণ
আমরা ইতিপূর্বে বলেছি, গদাধর তখনও প্রতিদিন কোনো না কোনো সময়ে পাঠশালায় যেত এবং বয়স্যদের প্রতি প্রেমই তার এমন করার কারণ ছিল। বাস্তবিক চোদ্দো বছরে পা দেওয়ার পর থেকে বালকের ভক্তি ও ভাবুকতা এতটাই প্রবৃদ্ধ হয়ে উঠেছিল যে, সে উপলব্ধি করছিল, পাঠশালার অর্থকরী শিক্ষা তার পক্ষে একেবারে নিষ্প্রয়োজন। সে যেন তখন থেকেই অনুভব করছিল, তার জীবন অন্য কাজের জন্য সৃষ্ট হয়েছে এবং ধর্মসাক্ষাৎকার করতে তাকে তার সর্বশক্তি নিয়োগ করতে হবে। এ বিষয়ের অস্পষ্ট ছায়া তার মনে অনেক সময়ে উদিত হত, কিন্তু তা তখনও পূর্ণাবয়ব না হওয়ায় সে তা সব সময়ে ধরতে-বুঝতে পারত না। কিন্তু নিজের জীবন ভবিষ্যতে কীভাবে পরিচালনা করবে, এ কথা তার মনে যখনই জাগত, তার বিচারশীল বুদ্ধি তাকে তখনই ঈশ্বরের প্রতি একান্ত নির্ভরের দিকে ইঙ্গিত করে তার কল্পনাপটে গৈরিক বসন, পবিত্র অগ্নি, ভিক্ষালব্ধ ভোজন এবং নিঃসঙ্গ বিচরণের ছবি উজ্জ্বল বর্ণে অঙ্কিত করত। তার প্রেমপূর্ণ হৃদয় কিন্তু তাকে পরক্ষণেই মাতা ও ভ্রাতাদের সাংসারিক অবস্থার কথা মনে করিয়ে দিয়ে সে পথে যাওয়ার অভিলাষ পরিত্যাগ করতে এবং পিতার মতো ঈশ্বরনির্ভর হয়ে সংসারে থেকে তাঁদের যথাসাধ্য সাহায্য করতে উদ্বুদ্ধ করত। এভাবে বুদ্ধি ও হৃদয় তাকে ভিন্ন ভিন্ন পথ দেখাত বলে সে ‘যা করেন রঘুবীর’ ভেবে ঈশ্বরের আদেশ লাভের জন্য প্রতীক্ষা করে থাকত। কারণ, বালকের প্রেমপূর্ণ হৃদয় একান্ত আপন বলে তাঁকেই আগে থেকে অবলম্বন করেছিল। সুতরাং যথাকালে তিনিই এ প্রশ্নের সমাধান করে দেবেন ভেবে সে তখন অনেক সময়ে নিজেকে শান্ত করত। বুদ্ধি ও হৃদয়ের এই দ্বন্দ্বে তার বিশুদ্ধ হৃদয়ই পরিশেষে জয়লাভ করত এবং সেই হৃদয়ের প্রেরণাতেই সে এই সময়ে সব কাজ করছিল।
গদাধরের হৃদয়ের প্রেরণা
অসাধারণ সহানুভূতিসম্পন্ন গদাধরের বিশুদ্ধ হৃদয় তাকে তখন থেকে অন্য এক বিষয়ও সময়ে সময়ে উপলব্ধি করাচ্ছিল। পুরাণপাঠ ও সংকীর্তনাদির সাহায্যে সেই হৃদয় তাকে গ্রামের নরনারীদের সঙ্গে আগেই ঘনিষ্ঠভাবে সম্বদ্ধ করে তাদের এত আপন বলে জ্ঞান করতে শিখিয়েছিল যে, তাদের জীবনের সুখ-দুঃখাদি সে তখন থেকে সর্বতোভাবে নিজের বলে অনুভব করছিল। সুতরাং তার বিচারশীল বুদ্ধি তাকে এই সময়ে যখনই সংসার-পরিত্যাগের দিকে ইঙ্গিত করত, তার হৃদয় তাকে তখনই সেই সব নরনারীর সরল প্রেমপূর্ণ আচরণের এবং তার প্রতি অসীম বিশ্বাসের কথা মনে করিয়ে দিয়ে তাকে নিজের জীবন এমনভাবে নিয়োগ করতে বলত, যা দেখে তারা সকলে নিজ নিজ জীবন পরিচালনা করার উচ্চাদর্শ লাভ করে কৃতার্থ হতে পারে এবং তার সঙ্গে তাদের এখনকার সম্বন্ধ সুগভীর পারমার্থিক সম্বন্ধে পরিণত হয়ে চিরকালের জন্য অবিনশ্বর হতে পারে। বালকের স্বার্থগন্ধশূন্য হৃদয় তাকে এ বিষয়ের স্পষ্ট আভাস দিয়ে তাই বলছিল, ‘নিজের জন্য সংসার ত্যাগ করা—সে তো স্বার্থপরতা; যাতে এরা সকলে উপকৃত হয়, এমন কিছু করো।’
গদাধরের পাঠশালাপরিত্যাগ ও বয়স্যদের সঙ্গে অভিনয়
পাঠশালায় এবং পরে টোলে লেখাপড়া সম্বন্ধে কিন্তু গদাধরের হৃদয় ও বুদ্ধি তখন মুক্তকণ্ঠে এক কথাই বলছিল, তবে সহসা পাঠশালা ছেড়ে দিলে বয়স্যরা তার সঙ্গ থেকে অনেকাংশে বঞ্চিত হবে বলে সে তা কিছুতেই করতে পারছিল না। কারণ, গয়াবিষ্ণু-প্রমুখ বালকের সমবয়স্ক সকলে তাকে প্রাণ দিয়ে ভালোবাসত এবং তার অসাধারণ বুদ্ধি ও অসীম সাহস তাকে সেখানেও দলপতি করে তুলেছিল। এই সময়ে একটি ঘটনায় বালক অর্থকরী বিদ্যাশিক্ষা ছেড়ে দেওয়ার সুযোগ পেল। গদাধরের অভিনয় করার শক্তি দেখে তার কয়েকজন বয়স্য তখন একদিন একটি যাত্রার দল খোলার প্রস্তাব তুলল এবং তাদের এ বিষয়ে শিক্ষাদানের ভার নিতে গদাধরকে অনুরোধ করতে লাগল। গদাধরও তাতে সম্মত হল; কিন্তু অভিভাবকেরা জানতে পারলে এতে বাধা পড়তে পারে বুঝে কোন জায়গায় তারা এসব শিখবে, তা নিয়ে বালকেরা চিন্তিত হয়ে পড়ল। গদাধরের উদ্ভাবনী শক্তি তখন মানিকরাজার আম্রকানন তাদের দেখিয়ে দিল এবং স্থির হল, পাঠশালা থেকে পালিয়ে তারা প্রতিদিন সকলে নির্দিষ্ট সময়ে সেখানে হাজির হবে।
সংকল্প শিগগিরই কাজে পরিণত হল এবং গদাধরের শিক্ষায় বালকেরা অল্প সময়ের ভিতরেই নিজ নিজ ভূমিকা ও গানগুলি কণ্ঠস্থ করে নিয়ে শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ-বিষয়ক যাত্রাভিনয়ে আম্রকানন মুখরিত করে তুলল। অবশ্য সেই সব যাত্রাভিনয়ের সব অঙ্গই গদাধরকে নিজের উদ্ভাবনী শক্তির জোরে সম্পূর্ণ করে নিতে হত এবং সেগুলির প্রধান চরিত্রের ভূমিকাগুলি তাকেই গ্রহণ করতে হত। যাই হোক, যাত্রার দল একরকম মন্দ দাঁড়াল না দেখে বালকেরা পরম আনন্দ পেল এবং শোনা যায়, আম্রকাননে অভিনয় করতে করতেও গদাধরের সময়ে সময়ে ভাবসমাধি হত।
গদাধরের চিত্রবিদ্যা ও মূর্তিগঠনে উন্নতি
সংকীর্তন ও যাত্রাভিনয়ে গদাধরের অনেক সময় কেটে যাওয়ায় তার চিত্রবিদ্যা তখন আর বেশি এগোতে পায়নি। তবে শোনা যায়, গৌরহাটি গ্রামে তার ছোট বোন শ্রীমতী সর্বমঙ্গলাকে বালক এই সময়ে একদিন দেখতে গিয়েছিল এবং বাড়িতে ঢুকেই দেখতে পেয়েছিল, তার বোন প্রসন্নমুখে নিজের স্বামীর সেবা করছে। তা দেখে সে অল্পদিন পরে তাদের দুজনের সেই ভাবের একখানি চিত্র এঁকেছিল। আমরা শুনেছি, পরিবারের সকলে তাতে চিত্রের মূর্তি দুটির সঙ্গে শ্রীমতী সর্বমঙ্গলা ও তার স্বামীর খুব মিল দেখে বিস্মিত হয়েছিল।
দেবদেবীর মূর্তি গড়ায় কিন্তু গদাধর বিশেষ পারদর্শী হয়ে উঠেছিল। কারণ, তার ধর্মপ্রবণ প্রকৃতির টানে সে অনেক সময়ে সেই সব মূর্তি গড়ে বয়স্যদের সঙ্গে যথাবিধি পূজা করত।
সে যা হোক, পাঠশালা ছেড়ে দিয়ে গদাধর নিজের হৃদয়ের প্রেরণায় ওই সব কাজে লেগে থেকে এবং চন্দ্রাদেবীকে গৃহকর্মে সাহায্য করে দিন কাটাতে লাগল। মাতৃহীন শিশু অক্ষয়ও তার হৃদয় অধিকার করে তাকে অনেক সময় ব্যস্ত রাখত। কারণ চন্দ্রাদেবীকে গৃহকর্ম করার সুযোগ দেওয়ার জন্য সেই শিশুকে কোলে নেওয়া এবং নানাভাবে খেলা দিয়ে তাকে ভুলিয়ে রাখা তখন তার একটি নিত্যকর্ম হয়ে উঠেছিল। এভাবে তিন বছরের বেশি সময় কেটে গেল, গদাধর ক্রমে সতেরো বছরে পা দিল। সেই সময়ে তিন বছরের পরিশ্রমে শ্রীযুক্ত রামকুমারের কলিকাতার চতুষ্পাঠীতে ছাত্রসংখ্যা বেড়ে তাঁরও আগের চেয়ে উপার্জনের সুবিধা হয়েছিল।
গদাধরের সম্বন্ধে রামকুমারের চিন্তা ও তাকে কলিকাতায় আনয়ন
কলিকাতায় অধিকাংশ সময় কাটালেও শ্রীযুক্ত রামকুমার বছরান্তে একবার কয়েক পক্ষের জন্য কামারপুকুরে এসে মা ও ভাইদের দেখাশোনা করতেন। সেই সুযোগে গদাধরের বিদ্যার্জনে উদাসীনতা লক্ষ করে তিনি এবার চিন্তিত হলেন। সে আজকাল যেভাবে দিন কাটায়, তিনি সে বিষয়ে সবিশেষ খোঁজ নিলেন এবং মা ও মেজ ভাই রামেশ্বরের সঙ্গে পরামর্শ করে তাকে কলিকাতায় নিজের কাছে রাখাই যুক্তিযুক্ত বলে স্থির করলেন। ছাত্রসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে টোলের গৃহকর্মও অনেক বেড়ে গিয়েছিল; সেজন্য এসব কাজে সাহায্য করতে একজন লোকের অভাবও তিনি তখন বোধ করছিলেন। অতএব স্থির হল যে, গদাধর কলিকাতায় এসে তাঁকে এসব কাজে কিছু কিছু সাহায্য করবে এবং অন্যান্য ছাত্রদের মতো তাঁরই কাছে লেখাপড়া করবে। গদাধরের কাছে এই প্রস্তাব এলে পিতৃতুল্য অগ্রজকে সাহায্য করতে হবে জেনে সে কলিকাতায় যেতে কিছুমাত্র আপত্তি করল না। তারপর শুভদিনে শুভক্ষণে শ্রীযুক্ত রামকুমার ও গদাধর ৺রঘুবীরকে প্রণাম করে চন্দ্রাদেবীর পদধূলি মস্তকে নিয়ে কলিকাতায় যাত্রা করলেন। কামারপুকুরের আনন্দের হাট কিছুকালের জন্য ভেঙে গেল এবং শ্রীমতী চন্দ্রা ও গদাধরের প্রতি অনুরক্ত নরনারী সকলে তার মধুময় স্মৃতি ও ভাবী উন্নতির চিন্তা করে কোনোরকমে দিন কাটাতে লাগলেন। কলিকাতায় আসার পরে শ্রীযুক্ত গদাধর যে সব অলৌকিক চেষ্টা করেছিলেন, পাঠক সেগুলি শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গের ‘সাধকভাব’ নামের গ্রন্থে লিপিবদ্ধ দেখতে পাবেন।
শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গে পূর্বকথা ও বাল্যজীবন পর্ব সম্পূর্ণ।
_________________________________________________
[1] সম্পূর্ণভাবে রমণীদের মতো হওয়ার বাসনা শ্রীযুক্ত গদাধরের প্রাণে এই সময়ে কত প্রবল হয়েছিল, তা ‘সাধকভাব’– চতুর্দশ অধ্যায়ে লিপিবদ্ধ কথা থেকে পাঠক সবিশেষ জানতে পারবেন।
[2] শোনা যায়, শ্রীনিবাস শাঁখারী প্রমুখ কয়েকজন যুবক শ্রীযুক্ত গদাধরকে এই সময় থেকে দেবতাজ্ঞানে ভক্তি ও পূজা করত।
বইয়ের ঘটনাবলির সময়-নিরূপক তালিকা
ঈশ্বরেচ্ছায় শ্রীশ্রীরামকৃষ্ণদেবের অলৌকিক সাধকভাবের আলোচনা সম্পূর্ণ হল। এতে আমরা তাঁর অদৃষ্টপূর্ব সাধনানুরাগ এবং সাধনতত্ত্বের দার্শনিক আলোচনা করেই ক্ষান্ত হইনি, সতেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ঠাকুরের জীবনের সব প্রধান ঘটনার সময় নিরূপণ করে সেগুলি ধারাবাহিকভাবে পাঠককে বলারও চেষ্টা করেছি। অতএব সাধকভাবকে বলা যেতে পারে ঠাকুরের সাধকজীবনের ইতিহাস, এবং স্বামী বিবেকানন্দ প্রমুখ শিষ্যেরা তাঁর শ্রীপদপ্রান্তে উপস্থিত হওয়ার আগে পর্যন্ত তাঁর জীবনের ইতিহাস।
বর্তমান গ্রন্থ লিখতে বসে আমরা ঠাকুরের জীবনের সব ঘটনার সময় নিরূপণ করতে পারব কি না, তা নিয়ে বিশেষ সন্দিহান ছিলাম। ঠাকুর তাঁর সাধক-জীবনের কথাগুলি আমাদের অনেকের কাছে বললেও, সেগুলির সময় নিরূপণ করে ধারাবাহিকভাবে কারও কাছে বলেননি। সেজন্য তাঁর ভক্তদের মনে তাঁর জীবনের সেই কালের কথাগুলি দুর্বোধ্য ও জটিল হয়ে রয়েছে; কিন্তু অনুসন্ধানের ফলে আমরা তাঁর কৃপায় এখন অনেকগুলি ঘটনার যথার্থ সময় নিরূপণ করতে পেরেছি।
ঠাকুরের জন্ম-সাল নিয়ে এতকাল পর্যন্ত গণ্ডগোল চলে আসছিল। কারণ, ঠাকুর নিজমুখে আমাদের বলেছিলেন, তাঁর যথার্থ জন্মপত্রিকাখানি হারিয়ে গিয়েছিল এবং পরে যেখানি করা হয়েছিল, সেখানি ভ্রমপ্রমাদপূর্ণ। একশো বছরেরও বেশি সময়ের পঞ্জিকা সন্ধান করে আমরা এখন এই বিরোধের মীমাংসাও করতে পেরেছি এবং সেজন্য ঠাকুরের জীবনের ঘটনাগুলির সময় নিরূপণ করা আমাদের পক্ষে সুসাধ্য হয়েছে। ঠাকুরের ৺ষোড়শীপূজা সম্বন্ধে সত্য ঘটনা এতদিন কারও জানা ছিল না। বর্তমান গ্রন্থ পড়লে পাঠকের এই ঘটনা বোঝা সহজ হবে।
পরিশেষে, শ্রীশ্রীঠাকুরের আশীর্বাদ পেয়ে গ্রন্থখানি লোককল্যাণ সাধন করুক, তাঁর শ্রীচরণে কেবল এই প্রার্থনাই। ইতি –
প্রণত
গ্রন্থকার
আচার্যদের সাধকভাব লিপিবদ্ধ পাওয়া যায় না
জগতের আধ্যাত্মিক ইতিহাস পাঠ করলে দেখা যায়, লোকগুরু বুদ্ধ ও শ্রীচৈতন্য ছাড়া অবতারপুরুষদের জীবনে সাধকভাবের কার্যকলাপ বিস্তৃতভাবে লিপিবদ্ধ নেই। যে উদ্দাম অনুরাগ ও উৎসাহ হৃদয়ে পোষণ করে তাঁরা জীবনে সত্যলাভের পথে অগ্রসর হয়েছিলেন, যে আশা-নিরাশা, ভয়-বিস্ময়, আনন্দ-ব্যাকুলতার তরঙ্গে পড়ে তাঁরা কখনও উল্লসিত এবং কখনও মুহ্যমান হয়েছিলেন—অথচ নিজ গন্তব্যলক্ষ্যে নিয়ত স্থির দৃষ্টি রাখতে বিস্মৃত হননি, সে বিষয়ের বিশদ আলোচনা তাঁদের জীবনেতিহাসে পাওয়া যায় না। অথবা, জীবনের শেষভাগে অনুষ্ঠিত বিচিত্র কার্যকলাপের সঙ্গে তাঁদের বাল্যাদি কালের শিক্ষা, উদ্যম ও কার্যকলাপের একটা স্বাভাবিক পূর্বাপর কার্যকারণসম্বন্ধ খুঁজে পাওয়া যায় না। দৃষ্টান্ত হিসেবে বলা যেতে পারে –
বৃন্দাবনের গোপীজনবল্লভ শ্রীকৃষ্ণ কীভাবে ধর্মপ্রতিষ্ঠাপক দ্বারকানাথ শ্রীকৃষ্ণে পরিণত হলেন, তা পরিষ্কার বোঝা যায় না। ঈশার মহদুদার জীবনে ত্রিশ বছর বয়সের আগের কথা দু-একটি মাত্রই জানা যায়। আচার্য শঙ্করের কেবল দিগ্বিজয়-কাহিনিই সবিস্তারে লিপিবদ্ধ। অন্যত্র সর্বত্রই এরকম।
তাঁরা কোনোকালে অসম্পূর্ণ ছিলেন, এ কথা ভক্তমানব ভাবতে চায় না
এমন হওয়ার কারণ খুঁজে পাওয়া কঠিন। ভক্তদের ভক্তির আতিশয্যেই বোধ হয় এসব কথা লিপিবদ্ধ হয়নি। নরের অসম্পূর্ণতা দেবচরিত্রে আরোপ করতে সংকুচিত হয়েই তাঁরা বোধ হয় সেসব কথা লোকনয়নের অন্তরালে রাখা যুক্তিযুক্ত মনে করেছেন। অথবা হতে পারে—মহাপুরুষচরিত্রের সর্বাঙ্গসম্পূর্ণ মহান ভাবগুলি সাধারণের সামনে উচ্চাদর্শ তুলে ধরে তাদের যতটা কল্যাণ করবে, সেই সব ভাবে উপনীত হতে তাঁরা যে অলৌকিক উদ্যম করেছেন, তা ততটা করবে না—এই ভেবে ভক্তেরা সেই উদ্যমের বিবরণ লিপিবদ্ধ করা অনাবশ্যক মনে করেছেন।
ভক্ত নিজের ঠাকুরকে সর্বদা পূর্ণ দেখতে চান। নরশরীর ধারণ করেছেন বলে তাঁতে যে নরসুলভ দুর্বলতা, দৃষ্টিহীনতা ও শক্তিহীনতা কোনোকালে কিছুমাত্র ছিল, তা স্বীকার করতে চান না। বালগোপালের মুখগহ্বরে তাঁরা বিশ্বব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত দেখতে সর্বদা প্রয়াসী হন এবং বালকের অসম্বদ্ধ চেষ্টাদির ভিতরে পরিণতবয়স্কের বুদ্ধি ও বহুদর্শিতার পরিচয় পাওয়ার প্রত্যাশাই যে কেবল রাখেন তা নয়, সর্বজ্ঞতা, সর্বশক্তিমত্তা এবং বিশ্বজনীন উদারতা ও প্রেমের সম্পূর্ণ প্রতিকৃতি দেখার জন্যও উদ্গ্রীব হয়ে ওঠেন। অতএব, নিজ ঐশ্বরিক স্বরূপে সর্বসাধারণকে ধরা না দেওয়ার জন্যই অবতারপুরুষেরা সাধনভজনাদি মানসিক চেষ্টা এবং আহার, নিদ্রা, ক্লান্তি, ব্যাধি, দেহত্যাগ প্রভৃতি শারীরিক অবস্থার মিথ্যা ভান করেন, এমন সিদ্ধান্ত করা তাঁদের পক্ষে বিচিত্র নয়। আমাদের কালেই আমরা স্বচক্ষে দেখেছি, কত বিশিষ্ট ভক্ত ঠাকুরের শারীরিক ব্যাধিকে সেইরকমই মিথ্যা ভান বলে ধারণা করেছিলেন।
এমন ভাবলে ভক্তের ভক্তির হানি হয়, এ কথা যুক্তিযুক্ত নয়
নিজের দুর্বলতার জন্যই ভক্ত এমন সিদ্ধান্তে উপনীত হন। বিপরীত সিদ্ধান্ত করলে তাঁর ভক্তির হানি হয় বলেই বোধ হয় তিনি নরসুলভ চেষ্টা ও উদ্দেশ্যাদি অবতারপুরুষে আরোপ করতে চান না। অতএব, তাঁদের বিরুদ্ধে আমাদের বলার কিছুই নেই। তবে এ কথা ঠিক যে, ভক্তির অপরিণত অবস্থাতেই ভক্তের মধ্যে এমন দুর্বলতা পরিলক্ষিত হয়। ভক্তির প্রথমাবস্থাতেই ভক্ত ভগবানকে ঐশ্বর্যবিরহিত রূপে চিন্তা করতে পারেন না। ভক্তি পরিপক্ব হলে, ঈশ্বরের প্রতি অনুরাগ কালক্রমে গভীর হয়ে উঠলে, তেমন ঐশ্বর্যচিন্তা ভক্তিপথের অন্তরায় বলে বোধ হতে থাকে, এবং ভক্ত তখন তা যত্নে দূরে সরিয়ে রাখেন। সমগ্র ভক্তিশাস্ত্র এ কথা বারংবার বলেছেন। দেখা যায়, শ্রীকৃষ্ণমাতা যশোদা গোপালের দিব্য বিভূতির নিত্য পরিচয় পেয়েও তাঁকে নিজের বালক বোধেই লালন-তাড়নাদি করছেন। গোপীরা শ্রীকৃষ্ণকে জগৎকারণ ঈশ্বর বলে জেনেও তাঁতে কান্তভাব ছাড়া অন্য ভাবের আরোপ করতে পারছেন না। অন্যত্রও এরকম দেখা যায়।
ঠাকুরের উপদেশ—ঐশ্বর্য–উপলব্ধিতে ‘তুমি–আমি’-ভাবে ভালোবাসা থাকে না, কারও ভাব নষ্ট করবে না
তাই ভগবানের শক্তিবিশেষের সাক্ষাৎ পরিচায়ক কোনোরকম দর্শনাদি লাভের জন্য ভক্তেরা আগ্রহাতিশয় জানালে ঠাকুর অনেক সময় তাঁদের বলতেন, “ওগো, ওরকম দর্শন করতে চাওয়াটা ভাল নয়; ঐশ্বর্য দেখলে ভয় আসবে; খাওয়ান, পরান, ভালবাসায় (ঈশ্বরের সঙ্গে) ‘তুমি আমি’-ভাব, এটা আর থাকবে না।” কত সময়েই না আমরা তখন ক্ষুণ্ণমনে ভেবেছি, ঠাকুর কৃপা করে ওইরকম দর্শনাদি করিয়ে দেবেন না বলেই আমাদের এসব বলে ক্ষান্ত করছেন। সাহসে ভর করে কোনো ভক্ত যদি সে সময় প্রাণের বিশ্বাসের সঙ্গে বলত, “আপনার কৃপাতে অসম্ভব সম্ভব হতে পারে, কৃপা করে আমাকে ওরকম দর্শনাদি করিয়ে দিন”, ঠাকুর তা শুনে মধুর নম্রভাবে বলতেন, “আমি কি কিছু করে দিতে পারি রে—মার যা ইচ্ছা তাই হয়।” এ কথাতেও যদি সে ক্ষান্ত না হয়ে বলত, “আপনার ইচ্ছা হলেই মা’র ইচ্ছা হবে”, ঠাকুর তখন অনেক সময় তাকে বুঝিয়ে বলতেন, “আমি তো মনে করি রে, তোদের সকলের সব রকম অবস্থা, সব রকম দর্শন হোক, কিন্তু তা হয় কই?” তাতেও ভক্ত যদি ক্ষান্ত না হয়ে বিশ্বাসের জেদ চালিয়ে যেত, তাহলে ঠাকুর তখন আর কিছু না বলে স্নেহপূর্ণ দৃষ্টি ও মৃদুমন্দ হাসিতে তার প্রতি নিজের ভালোবাসার পরিচয়মাত্র দিয়ে নীরব থাকতেন; অথবা বলতেন, “কী বলব বাবু, মা’র যা ইচ্ছা তাই হোক।” এমন নির্বন্ধাতিশয়ে পড়েও কিন্তু ঠাকুর তার সেই ভ্রমপূর্ণ দৃঢ় বিশ্বাস ভেঙে তার ভাব নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেন না। ঠাকুরের এমন ব্যবহার আমরা অনেক সময় প্রত্যক্ষ করেছি এবং তাঁকে বারংবার বলতে শুনেছি, “কারও ভাব নষ্ট করতে নেই রে, কারও ভাব নষ্ট করতে নেই।”
ভাব নষ্ট করা সম্বন্ধে দৃষ্টান্ত—কাশীপুরের বাগানে শিবরাত্রির কথা
প্রবন্ধোক্ত বিষয়ের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধ না থাকলেও কথাটি যখন পাড়া হয়েছে, তখন একটি ঘটনার উল্লেখ করে পাঠককে বুঝিয়ে দেওয়া ভালো। ইচ্ছা ও স্পর্শমাত্রে অপরের শরীর-মনে ধর্মশক্তি সঞ্চারিত করার ক্ষমতা আধ্যাত্মিক জীবনে অতি অল্প সাধকের ভাগ্যে লাভ হয়। স্বামী বিবেকানন্দ কালক্রমে এই ক্ষমতায় ভূষিত হয়ে প্রভূত লোককল্যাণ করবেন—ঠাকুর এ কথা আমাদের বারংবার বলেছিলেন। স্বামী বিবেকানন্দের মতো উত্তমাধিকারী সংসারে বিরল—প্রথম থেকে ঠাকুর এ কথা সম্যক বুঝে বেদান্তোক্ত অদ্বৈতজ্ঞানের উপদেশ দিয়ে তাঁর চরিত্র ও ধর্মজীবন একভাবে গঠন করছিলেন। ব্রাহ্মসমাজের প্রণালীতে দ্বৈতভাবে ঈশ্বরোপাসনায় অভ্যস্ত স্বামীজীর কাছে বেদান্তের ‘সোঽহং’ ভাবের উপাসনাটা তখন পাপ বলে পরিগণিত হলেও ঠাকুর তাঁকে দিয়ে তার অনুশীলন করাতে নানাভাবে চেষ্টা করতেন। স্বামীজী বলতেন, “দক্ষিণেশ্বরে গেলেই ঠাকুর অপর সকলকে যা পড়তে নিষেধ করতেন, সেই সব বই আমায় পড়তে দিতেন। অন্যান্য বইয়ের সঙ্গে তাঁর ঘরে একখানি ‘অষ্টাবক্র-সংহিতা’ ছিল। কেউ সেখানি বের করে পড়ছে দেখতে পেলে ঠাকুর তাকে সে বই পড়তে নিষেধ করে ‘মুক্তি ও তাহার সাধন’, ‘ভগবদ্গীতা’ বা কোনো পুরাণগ্রন্থ পড়ার জন্য দেখিয়ে দিতেন। আমি কিন্তু তাঁর কাছে গেলেই সেই ‘অষ্টাবক্র-সংহিতা’খানি বের করে পড়তে বলতেন। অথবা অদ্বৈতভাবপূর্ণ ‘অধ্যাত্মরামায়ণের’ কোনো অংশ পাঠ করতে বলতেন। যদি বলতাম—ও বই পড়ে কী হবে? আমি ভগবান, একথা মনে করাও পাপ। ঐ পাপকথা এই পুস্তকে লেখা আছে। ও বই পুড়িয়ে ফেলা উচিত। ঠাকুর তা শুনে হাসতে হাসতে বলতেন, ‘আমি কি তোকে পড়তে বলছি? একটু পড়ে আমাকে শুনাতে বলছি। খানিক পড়ে আমাকে শুনা না। তাতে তো আর তোকে মনে করতে হবে না, তুই ভগবান।’ কাজেই অনুরোধে পড়ে অল্পবিস্তর পড়ে তাঁকে শোনাতে হত।”
স্বামীজীকে সেভাবে গঠন করতে থাকলেও ঠাকুর তাঁর অন্যান্য বালকদের কাউকে সাকারোপাসনার, কাউকে নিরাকার সগুণ ঈশ্বরোপাসনার, কাউকে শুদ্ধা ভক্তির, আবার কাউকে বা জ্ঞানমিশ্রা ভক্তির ভিতর দিয়ে—অন্য নানাভাবে ধর্মজীবনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এভাবে স্বামী বিবেকানন্দ-প্রমুখ বালকভক্তেরা দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে একসঙ্গে শোয়া-বসা, আহার-বিহার, ধর্মচর্চা প্রভৃতি করলেও ঠাকুর অধিকারিভেদে তাদের নানাভাবে গঠন করছিলেন।
১৮৮৬ খ্রিস্টাব্দের মার্চ মাস। কাশীপুরের বাগানে ঠাকুর গলরোগে দিন দিন ক্ষীণ হয়ে পড়ছেন। কিন্তু যেন আগের চেয়ে বেশি উৎসাহে ভক্তদের ধর্মজীবন-গঠনে মনোনিবেশ করেছেন—বিশেষত স্বামী বিবেকানন্দের। আবার স্বামীজীকে সাধনমার্গের উপদেশ দিয়ে এবং সেই অনুযায়ী অনুষ্ঠানে সহায়তামাত্র করেই ঠাকুর ক্ষান্ত হননি। প্রতিদিন সন্ধ্যার পর অপর সকলকে সরিয়ে দিয়ে তাঁকে কাছে ডাকিয়ে একাদিক্রমে দুই-তিন ঘণ্টা ধরে, অন্য বালক ভক্তদের সংসারে পুনরায় ফিরতে না দিয়ে কীভাবে পরিচালনা করতে ও একসঙ্গে রাখতে হবে, সে বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করতেন ও শিক্ষা দিতেন। ভক্তদের প্রায় সকলেই তখন ঠাকুরের এমন আচরণ দেখে ভাবছিলেন, নিজের সংঘ সুপ্রতিষ্ঠিত করার জন্যই ঠাকুর গলরোগরূপ একটা মিথ্যা ভান করে বসে আছেন—সে কাজ সুসম্পন্ন হলেই আবার আগের মতো সুস্থ হবেন। কেবল স্বামী বিবেকানন্দই দিন দিন প্রাণে প্রাণে বুঝছিলেন, ঠাকুর যেন ভক্তদের কাছ থেকে বহুকালের জন্য বিদায় নেওয়ার মতো সব আয়োজন ও বন্দোবস্ত করছেন। তিনিও সে ধারণা সব সময়ে রাখতে পেরেছিলেন কি না সন্দেহ।
সাধনবলে স্বামীজীর ভিতর তখন স্পর্শের সাহায্যে অপরের মধ্যে ধর্মশক্তি-সংক্রমণ করার ক্ষমতার ঈষৎ উন্মেষ হয়েছে। তিনি মধ্যে মধ্যে নিজের ভিতর এমন শক্তির উদয় স্পষ্ট অনুভব করলেও, কাউকে ওইভাবে স্পর্শ করে এ বিষয়ের সত্যাসত্য এ পর্যন্ত নির্ধারণ করেননি। কিন্তু নানাভাবে প্রমাণ পেয়ে বেদান্তের অদ্বৈতমতে বিশ্বাসী হয়ে, তিনি তর্কযুক্তি দিয়ে সেই মত বালক ও গৃহস্থ ভক্তদের ভিতর প্রবেশ করানোর চেষ্টা করছিলেন। এ নিয়ে ভক্তদের ভিতর তুমুল আন্দোলন উঠে কখনও কখনও বিষম গণ্ডগোল চলত। কারণ স্বামীজীর স্বভাবই ছিল, যখন যা সত্য বলে বুঝতেন, তখনই তা হেঁকে ডেকে সকলকে বলতেন এবং তর্কযুক্তি দিয়ে অপরকে তা গ্রহণ করাতে চেষ্টা করতেন। ব্যবহারিক জগতে অবস্থা ও অধিকারিভেদে সত্য যে নানা আকার ধারণ করে—বালক স্বামীজী তা তখনও বুঝতে পারেননি।
আজ ফাল্গুনী শিবরাত্রি। বালক ভক্তদের মধ্যে তিন-চারজন স্বামীজীর সঙ্গে স্বেচ্ছায় ব্রতোপবাস করেছে। পূজা ও জাগরণে রাত্রি কাটানোই তাদের অভিলাষ। গোলমালে ঠাকুরের পাছে আরামের ব্যাঘাত হয়, এজন্য বসতবাড়ি থেকে একটু দূরে পুব দিকে রান্নার জন্য তৈরি একটি ঘরে পূজার আয়োজন হয়েছে। সন্ধ্যার পরে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং নবীন মেঘে সময়ে সময়ে মহাদেবের জটাপটলের মতো বিদ্যুৎপুঞ্জের আবির্ভাব দেখে ভক্তেরা আনন্দিত হয়েছেন।
দশটার পর প্রথম প্রহরের পূজা, জপ ও ধ্যান সাঙ্গ করে স্বামীজী পূজার আসনে বসেই বিশ্রাম করতে ও কথাবার্তা বলতে লাগলেন। সঙ্গীদের মধ্যে একজন তাঁর জন্য তামাক সাজতে বাইরে গেল এবং আর একজন কোনো প্রয়োজন সেরে আসতে বসতবাড়ির দিকে চলে গেল। এমন সময় স্বামীজীর ভিতর সহসা সেই দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হল এবং তিনিও তা আজ কাজে পরিণত করে তার ফলাফল পরীক্ষা করে দেখার বাসনায় সামনে বসা স্বামী অভেদানন্দকে বললেন, “আমাকে খানিকক্ষণ ছুঁয়ে থাকত।” ইতিমধ্যে তামাক নিয়ে ঘরে ঢুকে সেই বালক দেখল, স্বামীজী স্থিরভাবে ধ্যানস্থ রয়েছেন এবং অভেদানন্দ চোখ বুজে নিজের ডান হাত দিয়ে তাঁর ডান হাঁটু স্পর্শ করে রয়েছে ও তার সেই হাত ঘন ঘন কাঁপছে। দু-এক মিনিট এভাবে কাটার পর স্বামীজী চোখ মেলে বললেন, “ব্যস্, হয়েছে। কিরূপ অনুভব করলি?”
অ। ব্যাটারি (electric battery) ধরলে যেমন কী একটা ভিতরে আসছে জানতে পারা যায় ও হাত কাঁপে, ঐ সময়ে তোমাকে ছুঁয়ে সেইরূপ অনুভব হতে লাগল।
অন্যজন অভেদানন্দকে জিজ্ঞাসা করল, “স্বামীজীকে স্পর্শ করে তোমার হাত আপনা আপনি ঐরূপ কাঁপছিল?”
অ। হাঁ, স্থির করে রাখতে চেষ্টা করেও রাখতে পারছিলুম না।
এ সম্বন্ধে অন্য কোনো কথাবার্তা তখন আর হল না, স্বামীজী তামাক খেলেন। পরে সকলে দ্বিতীয় প্রহরের পূজা ও ধ্যানে মনোনিবেশ করলেন। অভেদানন্দ তখন গভীর ধ্যানস্থ হল। এমন গভীরভাবে ধ্যান করতে আমরা তাকে আগে আর কখনও দেখিনি। তার সর্বশরীর আড়ষ্ট হয়ে ঘাড় ও মাথা বেঁকে গেল এবং কিছুক্ষণের জন্য বহির্জগতের সংজ্ঞা একেবারে লুপ্ত হল। উপস্থিত সকলের মনে হল, স্বামীজীকে আগে স্পর্শ করার ফলেই তার এখন এমন গভীর ধ্যান এসেছে। স্বামীজীও তার এই অবস্থা লক্ষ করে একজন সঙ্গীকে ইঙ্গিতে তা দেখালেন।
রাত চারটার সময় চতুর্থ প্রহরের পূজা শেষ হওয়ার পরে স্বামী রামকৃষ্ণানন্দ পূজাগৃহে এসে স্বামীজীকে বললেন, “ঠাকুর ডাকছেন।” শুনেই স্বামীজী বসতবাড়ির দোতলার ঘরে ঠাকুরের কাছে চলে গেলেন। ঠাকুরের সেবা করার জন্য রামকৃষ্ণানন্দও সঙ্গে গেলেন।
স্বামীজীকে দেখেই ঠাকুর বললেন, “কী রে? একটু জমতে না জমতেই খরচ? আগে নিজের ভিতর ভাল করে জমতে দে, তখন কোথায় কী ভাবে খরচ করতে হবে, তা বুঝতে পারবি—মা-ই বুঝিয়ে দেবেন। ওর ভিতর তোর ভাব ঢুকিয়ে ওর কী অপকারটা করলি বল দেখি? ও এতদিন এক ভাব দিয়ে যাচ্ছিল, সেটা সব নষ্ট হয়ে গেল! —ছয় মাসের গর্ভ যেন নষ্ট হল! যা হবার হয়েছে, এখন হতে হঠাৎ অমনটা আর করিস্ নি। যা হোক, ছোঁড়াটার অদেষ্ট ভাল।”
স্বামীজী বলতেন, “আমি তো একেবারে অবাক্। পূজার সময় নীচে আমরা যা যা করেছি, ঠাকুর সমস্ত জানতে পেরেছেন! কী করি—তাঁর ঐরূপ ভর্ৎসনায় চুপ করে রইলুম।”
ফলে দেখা গেল অভেদানন্দ যে ভাবের সাহায্যে আগে ধর্মজীবনে অগ্রসর হচ্ছিল, তার তো একেবারে উচ্ছেদ হয়ে গেলই, আবার অদ্বৈতভাব ঠিক ঠিক ধরা ও বোঝা কালসাপেক্ষ হওয়ায় বেদান্তের দোহাই দিয়ে সে কখনও কখনও সদাচারবিরোধী কাজকর্ম করে ফেলতে লাগল। ঠাকুর তাকে তখন থেকে অদ্বৈতভাবের উপদেশ দিতে ও সস্নেহে তার ওইসব কার্যকলাপের ভুল দেখিয়ে দিতে থাকলেও, অভেদানন্দ সেই ভাবে প্রণোদিত হয়ে জীবনের প্রত্যেক কাজে যথাযথভাবে অগ্রসর হতে পেরেছিল ঠাকুরের শরীরত্যাগের বহুকাল পরে।
নরলীলায় সমস্ত কাজ সাধারণ নরের মতো হয়
সত্যলাভ অথবা জীবনে তার পূর্ণাভিব্যক্তির জন্য অবতারপুরুষদের চেষ্টাগুলিকে মিথ্যা ভান বলে যাঁরা গ্রহণ করেন, সেই শ্রেণির ভক্তদের প্রতি আমাদের বক্তব্য এই যে, ঠাকুরকে তাঁদের ওই ধরনের অভিমত প্রকাশ করতে আমরা কখনও শুনিনি। বরং অনেক সময় তাঁকে বলতে শুনেছি, ‘নরলীলায় সমস্ত কাজই সাধারণ নরের মতো হয়; নরশরীর স্বীকার করে ভগবানকে নরের মতো সুখদুঃখ ভোগ করতে এবং নরের মতো উদ্যম, চেষ্টা ও তপস্যার দ্বারা সব বিষয়ে পূর্ণত্ব লাভ করতে হয়।’ জগতের আধ্যাত্মিক ইতিহাসও সে কথা বলে এবং যুক্তি দিয়ে এ কথা স্পষ্ট বোঝা যায় যে, তা না হলে জীবের প্রতি কৃপায় ঈশ্বরের নরবপু ধারণের কোনো সার্থকতা থাকে না।
দৈব ও পুরুষকার সম্বন্ধে ঠাকুরের মত
ঠাকুর ভক্তদের যেসব উপদেশ দিতেন, তার ভিতর আমরা দুই ভাবের কথা দেখতে পাই। তাঁর কয়েকটি উক্তির উল্লেখ করলেই পাঠক বুঝতে পারবেন। দেখা যায়, একদিকে তিনি তাঁর ভক্তদের বলছেন, “(আমি) ভাত রেঁধেছি, তোরা বাড়া ভাতে বসে যা”, “ছাঁচ তৈয়ারী হয়েছে, তোরা সেই ছাঁচে নিজের নিজের মনকে ফ্যাল ও গড়ে তোল”, “কিছুই যদি না পারবি তো আমার উপর বকল্মা দে” ইত্যাদি। আবার অন্যদিকে বলছেন, “এক এক করে সব বাসনা ত্যাগ কর, তবে তো হবে”, “ঝড়ের আগে এঁটো পাতার মত হয়ে থাক্”, “কামিনীকাঞ্চন ত্যাগ করে ঈশ্বরকে ডাক্”, “আমি ষোল টাং (ভাগ) করেছি, তোরা এক টাং (ভাগ বা অংশ) কর” ইত্যাদি। আমাদের বোধ হয়, ঠাকুরের এই দুই ভাবের কথার অর্থ অনেক সময় বুঝতে না পেরেই আমরা দৈব ও পুরুষকার, নির্ভর ও সাধনের কোনটা ধরে জীবনে অগ্রসর হব, তা স্থির করে উঠতে পারিনি।
দক্ষিণেশ্বরে একদিন আমরা একজন বন্ধুর[1] সঙ্গে মানুষের স্বাধীনেচ্ছা কিছুমাত্র আছে কি না, এই নিয়ে অনেকক্ষণ বাদানুবাদের পর তার যথার্থ মীমাংসা পাওয়ার জন্য ঠাকুরের কাছে গেলাম। ঠাকুর বালকদের বিবাদ কিছুক্ষণ কৌতুকভরে শুনতে লাগলেন, পরে গম্ভীরভাবে বললেন, “স্বাধীন ইচ্ছা ফিচ্ছা কারও কিছু কি আছে রে? ঈশ্বরেচ্ছাতেই চিরকাল সব হচ্ছে ও হবে। মানুষ ঐ কথা শেষকালে বুঝতে পারে। তবে কী জানিস্, যেমন গরুটাকে লম্বা দড়ি দিয়ে খোঁটায় বেঁধে রেখেছে—গরুটা খোঁটার এক হাত দূরে দাঁড়াতে পারে, আবার দড়িগাছটা যত লম্বা ততদূরে গিয়েও দাঁড়াতে পারে—মানুষের স্বাধীন ইচ্ছাটাও ঐরূপ জানবি। গরুটা এতটা দূরের ভিতর যেখানে ইচ্ছা বসুক, দাঁড়াক বা ঘুরে বেড়াক—মনে করেই মানুষ তাকে বাঁধে। তেমনি ঈশ্বরও মানুষকে কতকটা শক্তি দিয়ে তার ভিতরে সে যেমন ইচ্ছা, যতটা ইচ্ছা ব্যবহার করুক, বলে ছেড়ে দিয়েছেন। তাই মানুষ মনে করছে সে স্বাধীন। দড়িটা কিন্তু খোঁটায় বাঁধা আছে। তবে কী জানিস্, তাঁর কাছে কাতর হয়ে প্রার্থনা করলে, তিনি নেড়ে বাঁধতে পারেন, দড়িগাছটা আরও লম্বা করে দিতে পারেন, চাই কি গলার বাঁধন একেবারে খুলেও দিতে পারেন।”
কথাগুলি শুনে আমরা জিজ্ঞাসা করলাম, “তবে মহাশয়, সাধনভজন করাতে তো মানুষের হাত নেই? সকলেই তো বলতে পারে—আমি যা কিছু করছি, সব তাঁর ইচ্ছাতেই করছি?”
ঠাকুর— মুখে শুধু বললে কী হবে রে? কাঁটা নেই, খোঁচা নেই, মুখে বললে কী হবে। কাঁটায় হাত পড়লেই কাঁটা ফুটে ‘উঃ’ করে উঠতে হবে। সাধনভজন করাটা যদি মানুষের হাতে থাকত, তবে তো সকলেই তা করতে পারত—তা পারে না কেন? তবে কী জানিস, যতটা শক্তি তিনি তোকে দিয়েছেন ততটা ঠিক ঠিক ব্যবহার না করলে তিনি আর অধিক দেন না। ঐজন্যই পুরুষকার বা উদ্যমের দরকার। দেখ্ না, সকলকেই কিছু না কিছু উদ্যম করে তবে ঈশ্বরকৃপার অধিকারী হতে হয়। ঐরূপ করলে তাঁর কৃপায় দশ জন্মের ভোগটা এক জন্মেই কেটে যায়। কিন্তু (তাঁর উপর নির্ভর করে) কিছু না কিছু উদ্যম করতেই হয়। ঐ বিষয়ে একটা গল্প শোন—
এ বিষয়ে শ্রীবিষ্ণু ও নারদ–সংবাদ
“গোলোক-বিহারী বিষ্ণু একবার নারদকে কোন কারণে অভিশাপ দেন যে, তাকে নরকভোগ করতে হবে। নারদ ভেবে আকুল। নানারূপে স্তবস্তুতি করে তাঁকে প্রসন্ন করে বললে—আচ্ছা ঠাকুর, নরক কোথায়, কিরূপ, কত রকমই বা আছে, আমার জানতে ইচ্ছা হচ্ছে, কৃপা করে আমাকে বলুন। বিষ্ণু তখন ভূঁয়ে খড়ি দিয়ে স্বর্গ, নরক, পৃথিবী যেখানে যেরূপ আছে এঁকে দেখিয়ে বললেন, ‘এইখানে স্বর্গ, আর এইখানে নরক।’ নারদ বললে, ‘বটে? তবে আমার এই নরকভোগ হ’ল’—বলেই ঐ আঁকা নরকের উপর গড়াগড়ি দিয়ে উঠে ঠাকুরকে প্রণাম করলে। বিষ্ণু হাসতে হাসতে বললেন, ‘সে কী? তোমার নরকভোগ হল কই?’ নারদ বললে, ‘কেন ঠাকুর, তোমারই সৃজন তো স্বর্গ নরক! তুমি এঁকে দেখিয়ে যখন বললে—এই নরক, তখন ঐ স্থানটা সত্যসত্যই নরক হল, আর আমি তাতে গড়াগড়ি দেওয়াতে আমার নরকভোগ হয়ে গেল।’ নারদ কথাগুলি প্রাণের বিশ্বাসের সঙ্গে বললে কি না! বিষ্ণুও তাই ‘তথাস্তু’ বললেন। নারদকে কিন্তু তাঁর উপর ঠিক ঠিক বিশ্বাস করে ঐ আঁকা নরকে গড়াগড়ি দিতে হল, (ঐ উদ্যমটুকু করে) তবে তার ভোগ কাটল।” —এভাবে কৃপার রাজ্যেও যে উদ্যম ও পুরুষকারের স্থান আছে, তা ঠাকুর এই গল্পটির সাহায্যে কখনও কখনও আমাদের বুঝিয়ে বলতেন।
মানবের অসম্পূর্ণতা স্বীকার করে অবতারপুরুষের মুক্তির পথ আবিষ্কার করা
নরদেহ ধারণ করে নরবৎ লীলায় অবতারপুরুষদের অনেকাংশে আমাদের মতো দৃষ্টিহীনতা, অল্পজ্ঞতা প্রভৃতি অনুভব করতে হয়। আমাদেরই মতো উদ্যম করে তাঁদের সেসবের হাত থেকে মুক্ত হওয়ার পথ আবিষ্কার করতে হয় এবং যতদিন না সেই পথ আবিষ্কৃত হয়, ততদিন তাঁদের অন্তরে নিজ দেবস্বরূপের আভাস কখনও কখনও অল্পক্ষণের জন্য উদিত হলেও তা আবার প্রচ্ছন্ন হয়ে পড়ে। এভাবে ‘বহুজনহিতায়’ মায়ার আবরণ স্বীকার করে নিয়ে আমাদেরই মতো তাঁদেরও আলো-আঁধারের রাজ্যের ভিতর পথ হাতড়াতে হয়। তবে স্বার্থসুখচেষ্টার লেশমাত্র তাঁদের ভিতরে না থাকায় তাঁরা জীবনপথে আমাদের চেয়ে বেশি আলো দেখতে পান এবং অভ্যন্তরীণ সমগ্র শক্তিপুঞ্জ সহজেই একমুখী করে অচিরেই জীবন-সমস্যার সমাধান করে লোককল্যাণে নিযুক্ত হন।
মানব বলে না ভাবলে অবতারপুরুষের জীবন ও চেষ্টার অর্থ পাওয়া যায় না
দেব-মানব ঠাকুর নরের অসম্পূর্ণতা যথাযথভাবে অঙ্গীকার করেছিলেন বলে তাঁর মানবভাবের আলোচনায় আমাদের প্রভূত কল্যাণ হয় এবং সেজন্যই আমরা তাঁর মানবভাবগুলি সর্বদা সামনে রেখে তাঁর দেবভাবের আলোচনা করতে পাঠককে অনুরোধ করি। আমাদেরই মতো একজন বলে তাঁকে না ভাবলে, তাঁর সাধনকালের অলৌকিক উদ্যম ও চেষ্টাদির কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। মনে হবে, যিনি নিত্য পূর্ণ, তাঁর আবার সত্যলাভের জন্য চেষ্টা কেন? মনে হবে, তাঁর জীবনপাতী চেষ্টাটা একটা ‘লোকদেখানো’ ব্যাপার মাত্র। শুধু তা-ই নয়, ঈশ্বরলাভের জন্য উচ্চাদর্শগুলি নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত করার জন্য তাঁর উদ্যম, নিষ্ঠা ও ত্যাগ আমাদের সেইরকম করতে উৎসাহিত না করে হৃদয় বিষম উদাসীনতায় পূর্ণ করবে এবং ইহজীবনে আমাদের আর জড়ত্বের অপনোদন হবে না।
বদ্ধমানব কেবল মানবভাবেই বুঝতে পারে
ঠাকুরের কৃপালাভের প্রত্যাশী হলেও তাঁকে আমাদেরই মতো মানবভাবসম্পন্ন বলে গ্রহণ করতে হবে। কারণ, ঠাকুর আমাদের দুঃখে সমবেদনাভাগী হয়েই তো আমাদের দুঃখ মোচন করতে অগ্রসর হবেন। অতএব যেদিক দিয়েই দেখো, তাঁকে মানবভাবাপন্ন বলে চিন্তা করা ছাড়া আমাদের গত্যন্তর নেই। বাস্তবিক, যতদিন না আমরা সর্ববিধ বন্ধন থেকে মুক্তিলাভ করে নির্গুণ দেব-স্বরূপে স্বয়ং প্রতিষ্ঠিত হতে পারব, ততদিন পর্যন্ত জগৎকারণ ঈশ্বরকে এবং ঈশ্বরাবতারদের মানবভাবাপন্ন বলেই আমাদের ভাবতে ও গ্রহণ করতে হবে। “দেবো ভূত্বা দেবং যজেৎ” কথাটি এভাবে বাস্তবিকই সত্য। তুমি যদি স্বয়ং সমাধিবলে নির্বিকল্প ভূমিতে পৌঁছতে পেরে থাকো, তবেই তুমি ঈশ্বরের যথার্থ স্বরূপের উপলব্ধি ও ধারণা করে তাঁর যথার্থ পূজা করতে পারবে। আর, যদি তা না পেরে থাকো, তবে তোমার পূজা সেই দেবভূমিতে ওঠার ও যথার্থ পূজাধিকার পাওয়ার চেষ্টামাত্রেই পর্যবসিত হবে এবং জগৎকারণ ঈশ্বরকে বিশিষ্ট শক্তিসম্পন্ন মানব বলেই তোমার আপনা থেকে ধারণা হতে থাকবে।
সেজন্য মানবের প্রতি করুণায় ঈশ্বরের মানবদেহধারণ, সুতরাং মানব ভেবে অবতারপুরুষের জীবনালোচনাই কল্যাণকর
দেবত্বে আরূঢ় হয়ে এভাবে ঈশ্বরের মায়াতীত দেবস্বরূপের যথার্থ পূজা করতে সমর্থ ব্যক্তি বিরল। আমাদের মতো দুর্বল অধিকারী তা থেকে এখনও বহুদূরে রয়েছে। সেইজন্য আমাদের মতো সাধারণ মানুষের প্রতি করুণাপরবশ হয়ে আমাদের হৃদয়ের পূজা গ্রহণ করার জন্যই ঈশ্বরের মানবভূমিতে অবতরণ—মানবীয় ভাব ও দেহ স্বীকার করে দেবমানব-রূপধারণ। পূর্ব পূর্ব যুগে আবির্ভূত দেবমানবদের তুলনায় ঠাকুরের সাধনকালের ইতিহাস আলোচনা করার অনেক সুবিধা আমাদের আছে, কারণ, ঠাকুর স্বয়ং তাঁর জীবনের সেই কালের কথা সময়ে সময়ে আমাদের কাছে বিস্তৃতভাবে আলোচনা করেছিলেন বলে সেসবের জ্বলন্ত চিত্র আমাদের মনে দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে রয়েছে। আবার, আমরা তাঁর কাছে যাওয়ার অল্পকাল আগেই তাঁর সাধকজীবনের বিচিত্রাভিনয় দক্ষিণেশ্বর কালীবাড়ির লোকজনের চোখের সামনে হয়ে গিয়েছিল এবং তাঁদের অনেকে তখনও সেখানে ছিলেন। তাঁদের মুখে এ বিষয়ে কিছু কিছু শোনারও সুযোগ আমরা পেয়েছিলাম। সে যা হোক, ওই বিষয়ের আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে সাধনতত্ত্বের মূলসূত্রগুলি একবার সাধারণভাবে আমাদের আবৃত্তি করে নেওয়া ভালো। অতএব এ বিষয়ে আমরা এখন কিছুটা আলোচনা করব।
_________________________________________________
[1] স্বামী নিরঞ্জনানন্দ, ১৯০৪ খ্রিস্টাব্দে হরিদ্বারে এঁর শরীরত্যাগ হয়।
ঠাকুরের জীবনে সাধকভাবের যথাযথ পরিচয় পেতে হলে সাধনা কাকে বলে, তা আমাদের প্রথমে বুঝতে হবে। অনেকে হয়তো এ কথায় বলবেন, ভারত তো চিরকাল কোনো-না-কোনো ভাবে ধর্মসাধনে লেগে রয়েছে, তবে সে কথা আবার পেড়ে পুঁথি বাড়ানো কেন? আবহমানকাল থেকে ভারত আধ্যাত্মিক রাজ্যের সত্যগুলি সাক্ষাৎ প্রত্যক্ষ করতে নিজের জাতীয় শক্তি যতটা ব্যয় করে আসছে এবং এখনও করছে, পৃথিবীর অপর কোন দেশের কোন জাতি এতটা করেছে? কোন দেশে এত বেশি ব্রহ্মজ্ঞ অবতার-পুরুষের আবির্ভাব হয়েছে? অতএব আমরা যারা সাধনার সঙ্গে চিরপরিচিত, আমাদের কাছে সে বিষয়ের মূলসূত্রগুলি পুনরাবৃত্তি করে বলা নিষ্প্রয়োজন।
সাধনা সম্বন্ধে সাধারণ মানবের ভ্রান্ত ধারণা
কথাটা সত্য হলেও সেই পুনরাবৃত্তির প্রয়োজন আছে। কারণ, সাধনা সম্বন্ধে অনেক ক্ষেত্রে জনসাধারণের একটা কিম্ভূতকিমাকার ধারণা দেখা যায়। উদ্দেশ্য বা গন্তব্যের প্রতি লক্ষ্য হারিয়ে তারা অনেক সময় কেবলমাত্র শারীরিক কঠোরতায়, দুষ্প্রাপ্য বস্তুর সংযোগে বিশেষ কোনো জায়গায় বিশেষ কোনো ক্রিয়ার নিরর্থক অনুষ্ঠানে, শ্বাসপ্রশ্বাসরোধে এবং এমনকি, অসম্বদ্ধ মনের বিসদৃশ চেষ্টাদিতেও সাধনার বিশিষ্ট পরিচয় পায়। আবার এমনও দেখা যায় যে, কুসংস্কার এবং কু-অভ্যাসে বিকৃত মনকে প্রকৃতিস্থ ও সহজভাবাপন্ন করে আধ্যাত্মিক পথে চালিত করতে মহাপুরুষেরা কখনও কখনও যেসব ক্রিয়া বা উপায়ের উপদেশ দিয়েছেন, সেগুলিকেই সাধনা বলে ধারণা করে লোকে সকলের পক্ষেই সেগুলির অনুষ্ঠান সমানভাবে প্রয়োজন বলে অনেক জায়গায় প্রচার করছে। বৈরাগ্যবান না হয়ে—সংসারের ক্ষণস্থায়ী রূপরসাদিভোগের জন্য আগের মতোই লালায়িত থেকে মন্ত্র বা বিশেষ কোনো ক্রিয়ার সাহায্যে জগৎকারণ ঈশ্বরকে মন্ত্রৌষধি-বশীভূত সাপের মতো নিজের কর্তৃত্বাধীন করা যায়, এমন ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অনেককে বৃথা চেষ্টায় কালক্ষেপ করতে দেখা যাচ্ছে। অতএব যুগযুগান্তরব্যাপী অধ্যবসায় ও চেষ্টার ফলে ভারতের ঋষি-মহাপুরুষেরা সাধনা সম্বন্ধে যেসব তত্ত্বে উপনীত হয়েছিলেন, সংক্ষেপে সেগুলির আলোচনা এখানে বিষয়বিরুদ্ধ হবে না।
সাধনার চরম ফল সর্বভূতে ব্রহ্মদর্শন
ঠাকুর বলতেন, “সর্বভূতে ব্রহ্মদর্শন বা ঈশ্বরদর্শন শেষকালের কথা”—সাধনার চরম উন্নতিতেই তা মানুষের ভাগ্যে ঘটে। হিন্দুর সর্বোচ্চ প্রামাণ্য শাস্ত্র বেদোপনিষদ এই কথাই বলেন। শাস্ত্র বলেন, জগতে স্থূল-সূক্ষ্ম, চেতন-অচেতন যা কিছু তুমি দেখতে পাচ্ছ—ইট, কাঠ, মাটি, পাথর, মানুষ, পশু, গাছপালা, জীব-জানোয়ার, দেব-উপদেব—সবই এক অদ্বয় ব্রহ্মবস্তু। ব্রহ্মবস্তুকেই তুমি নানা রূপে নানা ভাবে দেখছ, শুনছ, স্পর্শ, ঘ্রাণ ও আস্বাদ করছ। তাঁকে নিয়ে তোমার সকলপ্রকার দৈনন্দিন ব্যবহার আজীবন চললেও তুমি তা বুঝতে না পেরে ভাবছ, ভিন্ন ভিন্ন বস্তু ও ব্যক্তির সঙ্গে তুমি সেই ব্যবহার করছ। কথাগুলি শুনে আমাদের মনে যে সন্দেহপরম্পরা জাগে এবং সেগুলি নিরসন করতে শাস্ত্র যা বলেন, প্রশ্নোত্তরচ্ছলে তার মোটামুটি ভাবটি পাঠককে এখানে বললে বিষয়টি সহজে হৃদয়ঙ্গম হওয়ার সম্ভাবনা আছে।
ভ্রম বা অজ্ঞানবশত সত্য প্রত্যক্ষ হয় না—অজ্ঞানাবস্থায় থেকে অজ্ঞানের কারণ বোঝা যায় না
প্রশ্ন। এ কথা আমাদের প্রত্যক্ষ হচ্ছে না কেন?
উত্তর। তোমরা ভ্রমে পড়েছ। যতক্ষণ না সেই ভ্রম দূরীভূত হয়, ততক্ষণ কেমন করে সে ভ্রম ধরতে পারবে? যথার্থ বস্তু ও অবস্থার সঙ্গে তুলনা করেই আমরা বাইরের ও ভিতরের ভ্রম ধরি। সেই ভ্রম ধরতে হলেও তোমাদের তেমন জ্ঞানের প্রয়োজন।
প্র। আচ্ছা, এমন ভ্রম হওয়ার কারণ কী এবং কবে থেকেই বা আমাদের এই ভ্রম দেখা দিল?
উ। ভ্রমের কারণ সর্বত্র যা দেখা যায়, এখানেও তা-ই—অজ্ঞান। সেই অজ্ঞান কখন যে দেখা দিল, তা কেমন করে জানবে বলো? অজ্ঞানের ভিতর যতক্ষণ পড়ে রয়েছ, ততক্ষণ তা জানার চেষ্টা বৃথা। স্বপ্ন যতক্ষণ দেখা যায়, ততক্ষণ সত্য বলেই প্রতীতি হয়। ঘুম ভাঙলে জাগ্রদবস্থার সঙ্গে তুলনা করেই তা মিথ্যা বলে ধারণা হয়। বলতে পারো—স্বপ্ন দেখার সময় কখনও কখনও কোনো কোনো লোকের ‘আমি স্বপ্ন দেখছি’ এমন ধারণা থাকতে দেখা যায়। সেখানেও জাগ্রদবস্থার স্মৃতি থেকেই তাদের মনে সেই ভাবের উদয় হয়। জাগ্রদবস্থায় জগৎ প্রত্যক্ষ করার সময় তেমনই কারও কারও অদ্বয় ব্রহ্মবস্তুর স্মৃতি জাগতে দেখা যায়।
প্র। তবে উপায়?
উ। উপায়—সেই অজ্ঞান দূর করো। সেই ভ্রম বা অজ্ঞান যে দূর করা যায়, তা তোমাদের নিশ্চিত বলতে পারি। পূর্ব পূর্ব ঋষিরা তা দূর করতে পেরেছিলেন এবং কেমন করে দূর করতে হবে, তা বলে গেছেন।
জগৎকে ঋষিরা যেমন দেখেছেন তা-ই সত্য।—তার কারণ
প্র। আচ্ছা, কিন্তু সেই উপায় জানার আগে আরও দু-একটি প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে। আমরা এত লোকে যা দেখছি, প্রত্যক্ষ করছি, তাকে তুমি ভ্রম বলছ, আর অল্পসংখ্যক ঋষিরা যা প্রত্যক্ষ করেছেন বা জগৎটাকে যেভাবে প্রত্যক্ষ করেছেন, তাকেই সত্য বলছ—এমনও কি হতে পারে না যে, তাঁরা যা প্রত্যক্ষ করেছেন, তা-ই ভুল?
উ। বহুসংখ্যক লোক যা বিশ্বাস করবে, তা-ই যে সর্বদা সত্য হবে, এমন কিছু নিয়ম নেই। ঋষিদের প্রত্যক্ষকে সত্য বলছি, কারণ সেই প্রত্যক্ষের সাহায্যে তাঁরা সবরকম দুঃখের হাত থেকে মুক্ত হয়ে সর্বপ্রকারে ভয়শূন্য ও চিরশান্তির অধিকারী হয়েছিলেন এবং নিশ্চিতমৃত্যু মানবজীবনের সকল প্রকার ব্যবহারচেষ্টাদির একটা উদ্দেশ্যেরও সন্ধান পেয়েছিলেন। তা ছাড়া যথার্থ জ্ঞান মানবমনে সর্বদা সহিষ্ণুতা, সন্তোষ, করুণা, দীনতা প্রভৃতি সদ্গুণরাজির বিকাশ ঘটিয়ে তাকে অদ্ভুত উদারতাসম্পন্ন করে তোলে; ঋষিদের জীবনে এমন অসাধারণ গুণ ও শক্তির পরিচয় আমরা শাস্ত্রে পাই এবং যাঁরা তাঁদের পদানুসরণে চলে সিদ্ধিলাভ করেন, তাঁদের ভিতরে সেসবের পরিচয় এখনও দেখতে পাই।
অনেকের একইরকম ভ্রম হলেও ভ্রম কখনও সত্য হয় না
প্র। আচ্ছা, কিন্তু আমাদের সকলেরই ভ্রম একইরকমের হল কীভাবে? আমি যেটাকে পশু বলে বুঝি, তুমিও সেটাকে পশু বলেই বোঝো, মানুষ বলে বোঝো না; সব বিষয়েই এইরকম। এত লোকের এভাবে সব বিষয়ে একই সময়ে একইরকম ভুল হওয়া অল্প আশ্চর্যের কথা নয়! পাঁচজনে একটা বিষয়ে ভুল ধারণা করলেও আর পাঁচজনের সে বিষয়ে সত্যদৃষ্টি থাকে, সর্বত্র এমনই তো দেখা যায়। এখানে কিন্তু সেই নিয়মের একেবারে ব্যতিক্রম হচ্ছে। এজন্য তোমার কথা সম্ভবপর বলে বোধ হয় না।
বিরাট মনে জগৎরূপ কল্পনা বিদ্যমান বলেই মানবসাধারণের একইরকম ভ্রম হচ্ছে—বিরাট মন কিন্তু সেজন্য ভ্রমে আবদ্ধ নয়
উ। অল্পসংখ্যক ঋষিদের জনসাধারণের মধ্যে গণনা করছ না বলেই তুমি নিয়মের ব্যতিক্রম এখানে দেখতে পাচ্ছ। নইলে আগের প্রশ্নেই এ বিষয়ের উত্তর দেওয়া হয়ে গেছে। তবে যে জিজ্ঞাসা করছ, সকলের একইরকম ভ্রম হল কীভাবে? তার উত্তরে শাস্ত্র বলেন—এক অসীম অনন্ত সমষ্টি-মনে জগৎরূপ কল্পনার উদয় হয়েছে। তোমার, আমার এবং জনসাধারণের ব্যষ্টিমন সেই বিরাট মনের অংশ ও অঙ্গীভূত বলে আমাদের সেই একই প্রকার কল্পনা অনুভব করতে হচ্ছে। এজন্যই আমরা প্রত্যেকটা পশুকে পশু ছাড়া অন্য কিছু বলে ইচ্ছামতো দেখতে বা কল্পনা করতে পারি না। সেজন্যই আবার যথার্থ জ্ঞানলাভ করে আমাদের মধ্যে একজন সর্বপ্রকার ভ্রমের হাত থেকে মুক্তিলাভ করলেও অপর সকলে যেমন ভ্রমে পড়ে আছে, তেমনই থাকে। আর এক কথা, বিরাটমনে জগৎরূপ কল্পনার উদয় হলেও তিনি আমাদের মতো অজ্ঞানবন্ধনে জড়িয়ে পড়েন না। কারণ, তিনি সর্বদর্শী, অজ্ঞানপ্রসূত জগৎকল্পনার ভিতরে ও বাইরে অদ্বয় ব্রহ্মবস্তুকে ওতপ্রোতভাবে বিদ্যমান দেখতে পান। তা করতে পারি না বলেই আমাদের কথা স্বতন্ত্র হয়ে পড়ে। ঠাকুর যেমন বলতেন, “সাপের মুখে বিষ রয়েছে, সাপ ঐ মুখ দিয়ে নিত্য আহারাদি করছে, সাপের তাতে কিছু হচ্ছে না। কিন্তু সাপ যাকে কামড়ায়, ঐ বিষে তার তৎক্ষণাৎ মৃত্যু!”
জগৎরূপ কল্পনা দেশকালের বাইরে বর্তমান।– প্রকৃতি অনাদি
অতএব শাস্ত্রের দৃষ্টিতে দেখা গেল, বিশ্ব-মনের কল্পনাসম্ভূত জগৎটা একভাবে আমাদেরও মনঃকল্পিত। কারণ, শরীরের সঙ্গে অবয়বাদির যেমন, সমষ্টিভূত বিশ্বমনের সঙ্গে আমাদের ক্ষুদ্র ব্যষ্টি-মনের তেমনই নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ। আবার সেই জগৎরূপ কল্পনা যে এককালে বিশ্ব-মনে ছিল না, পরে আরম্ভ হল, এ কথা বলা যায় না। কারণ, নাম ও রূপ বা দেশ ও কালরূপ পদার্থ দুটি—যা না থাকলে কোনো বিচিত্রতার সৃষ্টি হতে পারে না—জগৎরূপ কল্পনারই ভিতরের বস্তু, অথবা সেই কল্পনার সঙ্গে সেগুলি অবিচ্ছেদ্যভাবে নিত্য বিদ্যমান। স্থিরভাবে একটু চিন্তা করে দেখলেই পাঠক এ কথা বুঝতে পারবেন এবং বেদাদি শাস্ত্র যে কেন সৃজনীশক্তির মূলীভূত কারণ প্রকৃতি বা মায়াকে অনাদি বা কালাতীত বলে শিক্ষা দিয়েছেন, তা-ও হৃদয়ঙ্গম হবে। জগৎটা যদি মনঃকল্পিতই হয় এবং সেই কল্পনার আরম্ভ যদি আমরা ‘কাল’ বলতে যা বুঝি তার ভিতরে না হয়ে থাকে, তবে কথাটা দাঁড়াল এই যে, কালরূপ কল্পনার সঙ্গে সঙ্গেই জগৎরূপ কল্পনাটা তার আশ্রয় বিশ্ব-মনে বিদ্যমান রয়েছে। আমাদের ক্ষুদ্র ব্যষ্টি-মন বহুকাল ধরে সেই কল্পনা দেখতে দেখতে জগতের অস্তিত্ব সম্বন্ধেই দৃঢ় ধারণা করে রয়েছে এবং জগৎরূপ কল্পনার অতীত অদ্বয় ব্রহ্মবস্তুর সাক্ষাৎ দর্শনে বহুকাল বঞ্চিত থেকে জগৎটা যে মনঃকল্পিত বস্তুমাত্র, এ কথা একেবারে ভুলে গিয়ে নিজের ভ্রম এখন ধরতে পারছে না। কারণ, আগেই বলেছি, যথার্থ বস্তু ও অবস্থার সঙ্গে তুলনা করেই আমরা সর্বদা বাইরের ও ভিতরের ভ্রম ধরতে পারি।
দেশকালাতীত জগৎকারণের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টাই সাধনা
এখন বোঝা যাচ্ছে যে, জগৎ সম্বন্ধে আমাদের ধারণা ও অনুভবাদি বহুকাল-সঞ্চিত অভ্যাসের ফলে বর্তমান আকার ধারণ করেছে এবং সে সম্বন্ধে যথার্থ জ্ঞানে উপনীত হতে হলে আমাদের এখন নামরূপ, দেশ-কাল, মন-বুদ্ধি প্রভৃতি জগদন্তর্গত সকল বিষয়ের অতীত পদার্থের সঙ্গে পরিচিত হতে হবে। এই পরিচয় পাওয়ার চেষ্টাকেই বেদপ্রমুখ শাস্ত্র ‘সাধন’ বলে নির্দেশ করেছেন; এবং এই চেষ্টা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যেসব স্ত্রী বা পুরুষের মধ্যে বিদ্যমান, তাঁরাই ভারতে সাধক নামে অভিহিত হন।
‘নেতি, নেতি’ ও ‘ইতি, ইতি’ সাধনপথ
সাধারণভাবে বলতে গেলে, জগদতীত বস্তু অনুসন্ধানের সেই চেষ্টা দুটি প্রধান পথে এতকাল ধরে প্রবাহিত হয়ে আসছে। প্রথম, শাস্ত্র যাকে ‘নেতি, নেতি’ বা জ্ঞানমার্গ বলে নির্দেশ করেছেন; এবং দ্বিতীয়, যাকে ‘ইতি, ইতি’ বা ভক্তিমার্গ বলে নির্দেশ করা হয়। জ্ঞানমার্গের সাধক চরমলক্ষ্যের কথা প্রথম থেকেই হৃদয়ে ধারণ করে ও সর্বদা স্মরণ রেখে জ্ঞাতসারে দিন দিন সেই দিকে অগ্রসর হতে থাকেন। ভক্তিপথের পথিকেরা চরমে কোথায় পৌঁছবেন, সে বিষয়ে অনেক ক্ষেত্রে অজ্ঞ থাকেন এবং উচ্চ থেকে উচ্চতর লক্ষ্যান্তর পরিগ্রহ করতে করতে অগ্রসর হয়ে পরিশেষে জগদতীত অদ্বৈতবস্তুর সাক্ষাৎ পরিচয় লাভ করেন। নইলে জগৎ সম্বন্ধে সাধারণ জনগণের যে ধারণা আছে, তা উভয় পথের পথিকদেরই ত্যাগ করতে হয়। জ্ঞানী তা প্রথম থেকেই সর্বতোভাবে পরিত্যাগ করতে চেষ্টা করেন; এবং ভক্ত তার কতক ছেড়ে কতক রেখে সাধনায় প্রবৃত্ত হলেও পরিণামে জ্ঞানীর মতোই তার সমস্ত ত্যাগ করে ‘একমেবাদ্বিতীয়ং’ তত্ত্বে উপনীত হন। জগৎ সম্বন্ধে সেই স্বার্থপর, ভোগসুখৈকলক্ষ্য সাধারণ ধারণা পরিহার করাকেই শাস্ত্র ‘বৈরাগ্য’ বলে অভিহিত করেছেন।
নিত্যপরিবর্তনশীল নিশ্চিত-মৃত্যু মানবজীবনে জগতের অনিত্যতা-জ্ঞান সহজেই জাগে। এজন্য জগৎ সম্বন্ধীয় সাধারণ ধারণা ত্যাগ করে ‘নেতি, নেতি’ মার্গে জগৎকারণের অনুসন্ধান করার কথাই প্রাচীন যুগে মানুষের মনে প্রথমে এসেছিল বলে বোধ হয়। সেজন্য ভক্তি ও জ্ঞান উভয় মার্গ সমকালে প্রচলিত থাকলেও ভক্তিপথের সকল বিভাগের সম্পূর্ণ পরিপুষ্টি হওয়ার আগেই উপনিষদে জ্ঞানমার্গের সম্যক পরিপুষ্টি হয়েছে দেখা যায়।
‘নেতি, নেতি’ পথের লক্ষ্য—‘আমি কোন পদার্থ’, তা সন্ধান করা
‘নেতি, নেতি’—নিত্যস্বরূপ জগৎকারণ ‘এ নয়, ও নয়’ করে সাধনপথে অগ্রসর হয়ে মানুষ অল্পকালেই যে অন্তর্মুখ হয়ে পড়েছিল, উপনিষদ এ বিষয়ে সাক্ষ্য দেয়। মানুষ বুঝেছিল, বাইরের অন্য বস্তুগুলির চেয়ে তার নিজের দেহমনই তাকে সবার আগে জগতের সঙ্গে সম্বন্ধযুক্ত করে রেখেছে; অতএব, দেহ-মন অবলম্বন করে জগৎকারণের অন্বেষণে অগ্রসর হলে তার সন্ধান শীঘ্র পাওয়ার সম্ভাবনা আছে। আবার “হাঁড়ির একটা ভাত টিপে যেমন বোঝা যায়, ভাত-হাঁড়িটা সুসিদ্ধ হয়েছে কি না”; তেমনই নিজের ভিতরে নিত্য-কারণ-স্বরূপের সন্ধান পেলেই অপর সব বস্তু ও ব্যক্তির অন্তরে তার সন্ধান পাওয়া যাবে। এজন্য জ্ঞানপথের পথিকের কাছে ‘আমি কোন পদার্থ’, তার অনুসন্ধানই একমাত্র লক্ষ্য হয়ে ওঠে।
নির্বিকল্প সমাধি
আগে বলেছি, জগৎ সম্বন্ধীয় সাধারণ ধারণা জ্ঞানী ও ভক্ত দু-রকম সাধককেই ত্যাগ করতে হয়। সেই ধারণার একান্ত ত্যাগেই মানবমন সর্ববৃত্তিরহিত হয়ে সমাধির অধিকারী হয়। এমন সমাধিকেই শাস্ত্র ‘নির্বিকল্প’ সমাধি আখ্যা দিয়েছেন। জ্ঞানপথের সাধক ‘আমি বাস্তবিক কোন পদার্থ’, এই তত্ত্বের অনুসন্ধানে অগ্রসর হয়ে কীভাবে নির্বিকল্প সমাধিতে উপনীত হন এবং সেই সময়ে তাঁর কেমন অনুভব হয়, তা আমরা পাঠককে অন্যত্র বলেছি।1 অতএব ভক্তিপথের পথিক সেই সমাধির অনুভবে কীভাবে উপনীত হন, পাঠককে এখন সে বিষয়ে কিছু বলা কর্তব্য।
‘ইতি, ইতি’ পথে নির্বিকল্প সমাধিলাভের বিবরণ
ভক্তিমার্গকে ‘ইতি, ইতি’-সাধনপথ বলে আমরা নির্দেশ করেছি। কারণ, সেই পথের পথিক জগতের অনিত্যতা প্রত্যক্ষ করলেও জগৎকর্তা ঈশ্বরে বিশ্বাসী হয়ে তাঁর কৃত জগৎরূপ কার্যকে সত্য ও বর্তমান বলে বিশ্বাস করেন। ভক্ত জগৎ ও তার ভিতরের সব বস্তু ও ব্যক্তিকে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধযুক্ত দেখে আপন করে নেন। সেই সম্বন্ধ দর্শন করার পথে যা অন্তরায় বলে প্রতীতি হয়, তাকে তিনি দূর থেকেই পরিহার করে চলেন। তা ছাড়া, ঈশ্বরের কোনো এক রূপের2 প্রতি অনুরাগে ও ধ্যানে তন্ময় হওয়া এবং তাঁরই প্রীতির জন্য সকল কাজ করা ভক্তের আশু লক্ষ্য।
রূপের ধ্যানে তন্ময় হয়ে কেমন করে জগতের অস্তিত্ব ভুলে নির্বিকল্প অবস্থায় পৌঁছনো যায়, এবার আমরা তা আলোচনা করব। আগে বলেছি, ভক্ত ঈশ্বরের কোনো এক রূপকে নিজের ইষ্ট বলে পরিগ্রহ করে তাঁরই চিন্তা ও ধ্যান করতে থাকেন। প্রথম প্রথম ধ্যান করার সময় তিনি সেই ইষ্টমূর্তির সর্বাবয়বসম্পূর্ণ ছবি মানসনয়নের সামনে আনতে পারেন না; কখনও মূর্তির হস্ত, কখনও পদ এবং কখনও বা মুখখানিমাত্র তাঁর সামনে উপস্থিত হয়; তা-ও আবার দর্শনমাত্রই যেন লয় হয়ে যায়, সামনে স্থিরভাবে থাকে না। অভ্যাসের ফলে ধ্যান গভীর হলে সেই মূর্তির সর্বাবয়বসম্পূর্ণ ছবি মানসচক্ষের সামনে সময়ে সময়ে উপস্থিত হয়। ধ্যান ক্রমে গভীরতর হলে এই ছবি, যতক্ষণ না মন চঞ্চল হয়, ততক্ষণ স্থিরভাবে সামনে থাকে। পরে ধ্যানের গভীরতার তারতম্যে সেই মূর্তির চলাফেরা, হাসা, কথা বলা এবং চরমে তার স্পর্শ পর্যন্তও ভক্তের উপলব্ধি হয়। তখন সেই মূর্তিকে সর্বপ্রকারে জীবন্ত দেখতে পাওয়া যায় এবং ভক্ত চক্ষু মুদ্রিত বা উন্মীলিত করে ধ্যান করুন না কেন, সেই মূর্তির এইসব ক্রিয়া সমানভাবে প্রত্যক্ষ করেন। পরে, ‘আমার ইষ্টই ইচ্ছামতো নানা রূপ ধারণ করেছেন’—এই বিশ্বাসের ফলে ভক্ত-সাধক নিজের ইষ্টমূর্তি থেকে নানাবিধ দিব্যরূপের দর্শন লাভ করেন। ঠাকুর বলতেন—“যে ব্যক্তি একটি রূপ ওরকম জীবন্তভাবে দর্শন করেছে, তার অন্য সব রূপের দর্শন সহজেই এসে যায়।”
ইতিপূর্বে যেসব কথা বলা হল, তা থেকে একটি বিষয় আমরা বুঝতে পারি। এমন সব জীবন্ত মূর্তির দর্শনলাভ যাঁর ভাগ্যে ঘটে, জাগ্রৎকালে দৃষ্ট পদার্থগুলির মতো ধ্যানকালে দৃষ্ট ভাবরাজ্যগত সেই সব মূর্তিরও সমান অস্তিত্ব তিনি অনুভব করতে থাকেন। এভাবে বাহ্য জগৎ ও ভাবরাজ্যের সমান অস্তিত্ববোধ যত বাড়তে থাকে, ততই তাঁর মনে বাহ্য জগৎটা মনঃকল্পিত বলে ধারণা হতে থাকে। আবার গভীর ধ্যানের সময় ভাবরাজ্যের অনুভব ভক্তের মনে এত প্রবল হয়ে ওঠে যে, সেই সময়ের জন্য তাঁর বাহ্য জগতের অনুভব একটুও থাকে না। ভক্তের এই অবস্থাকেই শাস্ত্র সবিকল্প সমাধি নামে অভিহিত করেছেন। এমন সমাধির সময়ে মানসিক শক্তির প্রভাবে ভক্তের মনে বাহ্য জগতের বিলয় হলেও ভাবরাজ্যের বিলয় হয় না। জগতে দৃষ্ট বস্তু ও ব্যক্তিদের সঙ্গে ব্যবহার করে আমরা নিত্য যেমন সুখদুঃখাদি অনুভব করি, নিজের ইষ্টমূর্তির সঙ্গে ব্যবহারে ভক্ত তখন ঠিক তেমনই অনুভব করতে থাকেন। তাঁর মনে তখন যত সংকল্প-বিকল্পের উদয় হতে থাকে, সবই কেবলমাত্র ইষ্টমূর্তিকে আশ্রয় করে। এক বিষয়কে মুখ্যভাবে অবলম্বন করে ভক্তের মনে সেই সময়ে বৃত্তি-পরম্পরার উদয় হয় বলে শাস্ত্র তাঁর এই অবস্থাকে সবিকল্পক বা বিকল্পসংযুক্ত সমাধি বলেছেন।
এভাবে ভাবরাজ্যের অন্তর্গত বিশেষ কোনো বিষয়ের চিন্তায় ভক্তের মনে স্থূল বাহ্য জগতের এবং এক ভাবের প্রাবল্যে অন্য ভাবগুলির বিলয় হয়। যে ভক্তসাধক এতদূর অগ্রসর হতে পেরেছেন, সমাধির নির্বিকল্পভূমিলাভ তাঁর কাছে বেশি দূরের কথা নয়। জগতের বহুকালাভ্যস্ত অস্তিত্বজ্ঞান যিনি এতটা দূর করতে পেরেছেন, তাঁর মন যে অনেক বেশি শক্তিসম্পন্ন ও দৃঢ়সংকল্প হয়েছে, এ কথা বলতে হবে না। মনকে একেবারে নির্বিকল্প করতে পারলে ঈশ্বরসম্ভোগ কমে না, বরং বাড়ে, এই ধারণা একবার হলেই তাঁর সমগ্র মন সেই দিকে সোৎসাহে ধাবিত হয় এবং শ্রীগুরু ও ঈশ্বরকৃপায় তিনি অচিরে ভাবরাজ্যের চরম ভূমিতে আরোহণ করে অদ্বৈতজ্ঞানে অবস্থিত হয়ে চিরশান্তির অধিকারী হন। অথবা বলা যেতে পারে, প্রগাঢ় ইষ্টপ্রেমই তাঁকে সেই ভূমি দেখিয়ে দেয় এবং ব্রজগোপিকাদের মতো এই প্রেমের প্রেরণায় তিনি তখন নিজের ইষ্টের সঙ্গে একত্ব অনুভব করেন।
অবতারপুরুষে দেব ও মানব উভয় ভাব বিদ্যমান থাকায় সাধনকালে তাঁদের সিদ্ধের মতো মনে হয়—দেব ও মানব উভয়ভাবে তাঁদের জীবনালোচনা আবশ্যক
জ্ঞানী এবং ভক্ত সাধককুলের চরম লক্ষ্যে উপনীত হওয়ার এই ক্রম শাস্ত্রনির্ধারিত। অবতারপুরুষদের মধ্যে কিন্তু দেব এবং মানব, উভয় ভাবের একত্র সম্মিলন আজীবন বিদ্যমান থাকায় সাধনকালেই তাঁদের কখনও কখনও সিদ্ধের মতো প্রকাশসম্পন্ন ও শক্তিসম্পন্ন দেখতে পাওয়া যায়। দেব এবং মানব উভয় ভূমিতে স্বভাবত বিচরণ করার শক্তি তাঁদের আছে বলে এমন হয়; অথবা ভিতরের দেবভাব তাঁদের সহজ স্বাভাবিক অবস্থা বলে তা তাঁদের মানবভাবের বহিরাবরণকে সময়ে সময়ে ভেদ করে এভাবে স্বতঃপ্রকাশিত হয়—মীমাংসা যা-ই হোক না কেন, এমন ঘটনা কিন্তু অবতারপুরুষদের জীবন মানববুদ্ধির কাছে দুর্ভেদ্য জটিলতাময় করে রেখেছে। এই জটিল রহস্যের কখনও যে সম্পূর্ণ ভেদ হবে, এমন বোধ হয় না। কিন্তু শ্রদ্ধাসম্পন্ন হয়ে তার অনুশীলন করলে মানুষের অশেষ কল্যাণ হয়, এ কথা ধ্রুব। প্রাচীন পৌরাণিক যুগে অবতারচরিত্রের মানবভাবটি ঢেকে-চেপে দেবভাবটির আলোচনাই করা হয়েছিল—সন্দেহশীল বর্তমান যুগে সেই চরিত্রের দেবভাবটি সম্পূর্ণ উপেক্ষা করে মানবভাবটির আলোচনাই চলছে। বর্তমান ক্ষেত্রে আমরা সেই চরিত্রের আলোচনা করে তার মধ্যে যে ওই দুই ভাব একসঙ্গে একই কালে বিদ্যমান থাকে, এই কথাই পাঠককে বোঝানোর চেষ্টা করব। বলা বাহুল্য, দেবমানব ঠাকুরের পুণ্যদর্শন জীবনে না ঘটলে অবতারচরিত্র এভাবে আমরা কখনোই দেখতে পারতাম না।
_________________________________________________
[1] গুরুভাব – পূর্বার্ধ, ২য় অধ্যায় দেখো।
[2] ব্রাহ্মসমাজের উপাসনাকেও আমরা রূপের ধ্যানের মধ্যেই গণনা করছি। কারণ, আকাররহিত সর্বগুণান্বিত ব্যক্তিত্বের ধ্যান করতে গেলে আকাশ, জল, বায়ু, তেজ প্রভৃতি পদার্থের মতো বিশেষ কোনো পদার্থই মনের মধ্যে জাগে।
ঠাকুরে দেব ও মানবভাবের মিলন
পুণ্য-দর্শন ঠাকুরের দিব্যসঙ্গ লাভ করে কৃতার্থ হয়ে আমরা তাঁর জীবন ও চরিত্রের যতই অনুধ্যান করেছি, ততই তাঁর মধ্যে দেব ও মানব, উভয় ভাবের বিচিত্র সম্মেলন দেখে মোহিত হয়েছি। মধুর সামঞ্জস্যে এমন বিপরীত ভাবসমষ্টি যে একসঙ্গে একাধারে বর্তমান থাকতে পারে, এ কথা তাঁকে না দেখলে আমাদের কখনই ধারণা হত না। এমন দেখেছি বলেই আমাদের ধারণা তিনি দেবমানব—পূর্ণ দেবত্বের ভাব ও শক্তিসমূহ মানবীয় দেহ ও ভাবাবরণে প্রকাশিত হলে যা হয়, তিনি তা-ই। এমন দেখেছি বলেই বুঝেছি যে, এই উভয় ভাবের কোনোটিই তিনি বৃথা ভান করেননি এবং মানবভাব তিনি লোকহিতায় যথার্থই স্বীকার করে তা থেকে দেবত্বে ওঠার পথ আমাদের দেখিয়ে গিয়েছেন। আবার, দেখেছি বলেই এ কথা বুঝতে পেরেছি যে, পূর্ব পূর্ব যুগের সকল অবতারপুরুষের জীবনেই এই উভয় ভাবের এমন বিচিত্র প্রকাশ নিশ্চয় দেখা দিয়েছিল।
সকল অবতারপুরুষেই এমন
শ্রদ্ধা নিয়ে অবতারপুরুষদের মধ্যে কারও জীবনকথা আলোচনা করতে গেলেই আমরা তেমনই দেখতে পাব। দেখতে পাব, তাঁরা কখনও আমাদের ভাব-ভূমিতে থেকে জগতের যাবতীয় বস্তু ও ব্যক্তির সঙ্গে আমাদেরই মতো ব্যবহার করছেন—আবার কখনও বা উচ্চ ভাব-ভূমিতে বিচরণ করে আমাদের অজ্ঞাত, অপরিচিত ভাব ও শক্তিসম্পন্ন এক নতুন রাজ্যের সংবাদ আমাদের এনে দিচ্ছেন! —তাঁদের ইচ্ছা না থাকলেও কে যেন সব বিষয়ের যোগাযোগ ঘটিয়ে তাঁদের দিয়ে এমন করাচ্ছে। আশৈশবই এমন। তবে, শৈশবে সময়ে সময়ে সেই শক্তির পরিচয় পেলেও তা যে তাঁদের নিজস্ব এবং অন্তরেই অবস্থিত, এ কথা তাঁরা অনেক সময়ে বুঝতে পারেন না; অথবা ইচ্ছা করলেই সেই শক্তি প্রয়োগে উচ্চভাব-ভূমিতে আরোহণ করে দিব্যভাবের সাহায্যে জগতের অন্তর্গত সকল বস্তু ও ব্যক্তিকে দেখতে এবং তাদের সঙ্গে সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন না। কিন্তু সেই শক্তির অস্তিত্ব জীবনে বারংবার প্রত্যক্ষ করতে করতে তার সঙ্গে সম্পূর্ণভাবে পরিচিত হওয়ার প্রবল বাসনা তাঁদের মনের মধ্যে জেগে ওঠে এবং সেই বাসনাই তাঁদের অলৌকিক অনুরাগে ভরিয়ে তুলে সাধনে নিযুক্ত করে।
অবতারপুরুষে স্বার্থসুখের বাসনা থাকে না
তাঁদের এই বাসনায় স্বার্থপরতার নামগন্ধ থাকে না। ঐহিক বা পারলৌকিক কোনোরকম ভোগসুখলাভের প্রেরণা তো দূরের কথা, পৃথিবীর আর সকলের যা হওয়ার হোক, আমি মুক্তিলাভ করে ভূমানন্দে থাকি—এমন ভাব পর্যন্ত তাঁদের সেই বাসনায় দেখা যায় না। কেবল, যে অজ্ঞাত দিব্যশক্তির প্রেরণায় তাঁরা জন্ম থেকে অসাধারণ দিব্যভাবগুলি অনুভব করে আসছেন এবং স্থূল জগতে দৃষ্ট বস্তু ও ব্যক্তিদের মতো ভাবরাজ্যগত সকল বিষয়ের সমসমান অস্তিত্ব সময়ে সময়ে প্রত্যক্ষ করছেন, সেই শক্তি কি বাস্তবিকই জগতের অন্তরালে অবস্থিত অথবা স্বকপোলকল্পনা-বিজৃম্ভিত, তার তত্ত্বানুসন্ধানই তাঁদের সেই বাসনার মূলে পরিলক্ষিত হয়। কারণ, সাধারণ মানুষের প্রত্যক্ষ ও অনুভবাদির সঙ্গে নিজেদের প্রত্যক্ষগুলির তুলনা করলে এ কথা তাঁদের অল্পদিনেই হৃদয়ঙ্গম হয় যে, তাঁরা আজীবন জগতের বস্তু ও ব্যক্তিদের যেভাবে প্রত্যক্ষ করছেন, অন্যেরা সেভাবে করছে না—ভাবরাজ্যের উচ্চভূমি থেকে জগৎটা দেখার সামর্থ্য তাদের একরকম নেই বললেই হয়।
তাঁদের করুণা ও পরার্থে সাধনভজন
শুধু তা-ই নয়। সেই তুলনা থেকে তাঁদের আর একটি কথারও সঙ্গে সঙ্গে ধারণা হয়ে যায়। তাঁরা বুঝতে পারেন যে, সাধারণ ও দিব্য দুই ভূমি থেকে জগৎটাকে দুইভাবে দেখতে পান বলেই দুই দিনের নশ্বর জীবনে আপাত-মনোরম রূপরসাদি তাঁদের মানবসাধারণের মতো প্রলুব্ধ করতে পারে না এবং নিয়ত পরিবর্তনশীল সংসারের নানা অবস্থাবিপর্যয়ে অশান্তি ও নৈরাশ্যের নিবিড় ছায়া তাঁদের মনকে আবৃত করতে পারে না। সুতরাং সেই শক্তিকে সম্পূর্ণভাবে নিজের করে নিয়ে কেমন করে ইচ্ছা করামাত্র উচ্চ ও উচ্চতর ভাব-ভূমিগুলিতে স্বয়ং আরোহণ করতে এবং যতকাল ইচ্ছা সেখানে অবস্থান করতে পারবেন এবং আপামর সাধারণকে তেমন করতে শিখিয়ে শান্তির অধিকারী করবেন, এই চিন্তাতেই তাঁদের করুণাপূর্ণ মন একেবারে নিমগ্ন হয়ে পড়ে। এজন্যই দেখা যায়, সাধনা ও করুণার দুটি প্রবল প্রবাহ তাঁদের জীবনে নিরন্তর পাশাপাশি প্রবাহিত হচ্ছে। মানবসাধারণের সঙ্গে নিজেদের অবস্থার তুলনা থেকে সেই করুণা তাঁদের অন্তরে শতধারে বর্ধিত হতে পারে; কিন্তু এভাবেই যে তার উৎপত্তি হয়, এ কথা বলা যায় না। সেই করুণা সঙ্গে নিয়ে তাঁরা সংসারে জন্মান। এ বিষয়ে ঠাকুরের একটি দৃষ্টান্ত স্মরণ করো –
এ বিষয়ে দৃষ্টান্ত—‘তিন বন্ধুর আনন্দকানন–দর্শন’ সম্বন্ধে ঠাকুরের গল্প
“তিন বন্ধুতে মাঠে বেড়াতে গিয়েছিল। বেড়াতে বেড়াতে মাঠের মাঝখানে উপস্থিত হয়ে দেখলে উঁচু পাঁচিলে ঘেরা একটা জায়গা—তার ভিতর থেকে গানবাজনার মধুর আওয়াজ আসছে। শুনে ইচ্ছে হোলো, ভিতরে কী হচ্ছে দেখবে। চারিদিকে ঘুরে দেখলে, ভিতরে ঢোকবার একটিও দরজা নেই। কী করে? —একজন কোনরকমে একটা মই যোগাড় করে পাঁচিলের ওপরে উঠতে লাগলো ও অপর দুইজন নীচে দাঁড়িয়ে রইলো। প্রথম লোকটি পাঁচিলের ওপরে উঠে ভিতরের ব্যাপার দেখে আনন্দে অধীর হয়ে হাহা করে হাসতে হাসতে লাফিয়ে পড়লো—কী যে ভিতরে দেখলে তা নীচের দুজনকে বলবার জন্য একটুও অপেক্ষা করতে পারলে না। তারা ভাবলে—বাঃ—বন্ধু তো বেশ, একবার বললেও না কী দেখলে! —যা হোক, দেখতে হোলো। আর একজন ঐ মই বেয়ে উঠতে লাগলো। উপরে উঠে সেও প্রথম লোকটির মত হাহা করে হেসে ভিতরে লাফিয়ে পড়লো। তৃতীয় লোকটি তখন কী করে—ঐ মই বেয়ে উপরে উঠলো ও ভিতরের আনন্দের মেলা দেখতে পেলে। দেখে প্রথমে তার মনে খুব ইচ্ছা হোলো সেও ওতে যোগ দেয়। পরেই ভাবলে—কিন্তু আমি যদি এখনি ওতে যোগদান করি, তাহলে বাইরের অপর দশজনে তো জানতে পারবে না এখানে এমন আনন্দ-উপভোগের জায়গা আছে; একলা এই আনন্দটা ভোগ করবো? ঐ ভেবে সে জোর করে নিজের মনকে ফিরিয়ে নেবে এলো ও দুচোখে যাকেই দেখতে পেলে তাকেই হেঁকে বলতে লাগলো—‘ওহে, এখানে এমন আনন্দের স্থান রয়েছে, চল চল সকলে মিলে ভোগ করি!’ ঐরূপে বহু ব্যক্তিকে সঙ্গে নিয়ে সেও ওতে যোগ দিলে।” এখন বোঝো, তৃতীয় ব্যক্তির মনে দশজনকে সঙ্গে নিয়ে আনন্দোপভোগের ইচ্ছার কারণ যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনই অবতারপুরুষদের মনে লোককল্যাণসাধনের ইচ্ছা কেন যে আশৈশব বিদ্যমান থাকে, তার কারণ নির্দেশ করা যায় না।
অবতারপুরুষদের সাধারণ মানবের মতো সংযম–অভ্যাস করতে হয়
এসব কথায় কেউ কেউ হয়তো স্থির করবেন, অবতারপুরুষদের কখনও আমাদের মতো দুর্বার ইন্দ্রিয়গুলির সঙ্গে সংগ্রাম করতে হয় না; শিষ্ট শান্ত বালকের মতো ইন্দ্রিয়গুলি বুঝি আজন্ম তাঁদের বশে নিরন্তর ওঠে-বসে এবং সেজন্য সংসারের রূপরসাদি থেকে মনকে ফিরিয়ে তাঁরা সহজেই উচ্চ লক্ষ্যে চালিত করতে পারেন। উত্তরে আমরা বলি—তা নয়, এ বিষয়েও নরবৎ নরলীলা হয়; এখানেও তাঁদের সংগ্রামে জয়ী হয়ে গন্তব্যপথে অগ্রসর হতে হয়।
মনের অনন্ত বাসনা
মানব-মনের স্বভাব সম্বন্ধে যিনি কিছুমাত্র জানতে চেষ্টা করেছেন, তিনি দেখতে পেয়েছেন স্থূল থেকে আরম্ভ করে সূক্ষ্ম, সূক্ষ্মতর, সূক্ষ্মতম অনন্ত বাসনাস্তরসমূহ তার ভিতরে বিদ্যমান রয়েছে, একটিকে যদি তুমি কোনোমতে অতিক্রম করতে পারলে, তবে আর একটি এসে তোমার পথরোধ করল; সেটিকে পরাজিত করলে তো আর একটি এল; স্থূলকে পরাজিত করলে তো সূক্ষ্ম এল; তাকে পিছু হটালে তো সূক্ষ্মতর বাসনাশ্রেণি তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াল। কাম যদি ছাড়লে তো কাঞ্চন এল; স্থূলভাবে কাম-কাঞ্চন গ্রহণ থেকে বিরত হলে তো সৌন্দর্যানুরাগ, লোকৈষণা, মান-যশাদি সামনে এসে উপস্থিত হল; অথবা মায়িক সম্বন্ধগুলি যত্ন করে পরিহার করলে তো আলস্য বা করুণার আকারে মায়ামোহ এসে তোমার হৃদয় অধিকার করল!
বাসনাত্যাগ সম্বন্ধে ঠাকুরের প্রেরণা
মনের এই স্বভাবের উল্লেখ করে বাসনাজাল থেকে দূরে থাকতে ঠাকুর আমাদের সর্বদা সতর্ক করতেন। নিজের জীবনের ঘটনাবলি[1] ও চিন্তা পর্যন্ত সময়ে সময়ে দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করে তিনি সে কথা আমাদের হৃদয়ঙ্গম করিয়ে দিতেন। পুরুষভক্তদের মতো স্ত্রী-ভক্তদেরও তিনি এ কথা বারংবার বলে তাঁদের অন্তরে ঈশ্বরানুরাগ উদ্দীপিত করতেন। তাঁর এক দিনের এইরকম ব্যবহারের কথা এখানে বললেই পাঠক তা বুঝতে পারবেন।
এ বিষয়ে স্ত্রীভক্তদের প্রতি উপদেশ
স্ত্রী বা পুরুষ ঠাকুরের কাছে যে-কেউই যেতেন, সকলেই তাঁর অমায়িকতা, সদ্ব্যবহার ও কামগন্ধরহিত অদ্ভুত ভালোবাসার আকর্ষণ প্রাণে প্রাণে অনুভব করতেন এবং সুবিধা পেলেই আবার তাঁর পুণ্যদর্শন লাভের জন্য ব্যস্ত হয়ে উঠতেন। এভাবে তাঁরা যে নিজেরাই তাঁর কাছে বারবার যাতায়াত করে ক্ষান্ত হতেন তা নয়, নিজেদের পরিচিত সকলকে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে তারাও যাতে তাঁর দর্শনে বিমলানন্দ উপভোগ করতে পারে, সেজন্য বিশেষভাবে চেষ্টা করতেন। আমাদের পরিচিতা এক রমণী তেমনই একদিন তাঁর বৈমাত্রেয় বোন ও সেই বোনের ননদকে সঙ্গে নিয়ে বিকেলে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন। প্রণাম করে বসলে ঠাকুর তাঁদের পরিচয় ও কুশল জিজ্ঞাসা করে, ঈশ্বরের প্রতি অনুরাগই মানবজীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এই কথা পেড়ে বলতে আরম্ভ করলেন –
“ভগবানের শরণাপন্ন কি সহজে হওয়া যায় গা? মহামায়ার এমনি কাণ্ড—হতে কি দেয়? যার তিনকুলে কেউ নেই, তাকে দিয়ে একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে! —সেও বিড়ালের মাছ দুধ ঘুরে ঘুরে যোগাড় করবে, আর বলবে, ‘মাছ দুধ না হলে বিড়ালটা খায় না, কী করি?’
“হয়তো, বড় বনেদি ঘর। পতি-পুত্তুর সব মরে গেল—কেউ নেই—রইল কেবল গোটাকতক রাঁড়ি! —তাদের মরণ নেই! বাড়ীর এখানটা পড়ে গেছে, ওখানটা ধসে গেছে, ছাদের উপর অশ্বত্থ গাছ জন্মেছে—তার সঙ্গে দু-চারগাছা ডেঙ্গো ডাঁটাও জন্মেছে, রাঁড়িরা তাই তুলে চচ্চড়ি রাঁধছে ও সংসার করচে! কেন? ভগবানকে ডাকুক না কেন? তাঁর শরণাপন্ন হোক না—তার তো সময় হয়েছে। তা হবে না!
“হয়তো বা কারুর বিয়ের পরে স্বামী মরে গেল—কড়ে রাঁড়ি। ভগবানকে ডাকুক না কেন? তা নয়—ভাইয়ের ঘরে গিন্নী হোল! মাথায় কাগা খোঁপা, আঁচলে চাবির থোলো বেঁধে হাত নেড়ে গিন্নীপনা কচ্চেন—সর্বনাশীকে দেখলে পাড়াসুদ্ধু লোক ডরায়! আর বলে বেড়াচ্চেন—‘আমি না হলে দাদার খাওয়াই হয় না!’ —মর মাগি, তোর কী হোলো তা দ্যাখ—তা না!”
এক রহস্যের কথা—আমাদের পরিচিতা রমণীর বোনের ঠাকুরঝি—যিনি সেদিন প্রথমবার ঠাকুরের দর্শনলাভ করলেন, ভাইয়ের ঘরে গৃহিণী-বোনদের দলে পড়তেন। ঠাকুরকে কেউই সে কথা আগে বলেনি। কিন্তু কথায় কথায় ঠাকুর সেই দৃষ্টান্ত এনে বাসনার প্রবল প্রতাপ ও মানবমনে অনন্ত বাসনাস্তরের কথা বোঝাতে লাগলেন। বলা বাহুল্য, কথাগুলি সেই স্ত্রীলোকটির অন্তরে অন্তরে প্রবেশ করল। দৃষ্টান্তগুলি শুনে আমাদের পরিচিতা রমণীর বোন তাঁর গা ঠেলে চুপি চুপি বললেন—“ও ভাই, আজই কি ঠাকুরের মুখ দিয়ে এই কথা বেরুতে হয়? —ঠাকুরঝি কী মনে করবে!” পরিচিতা রমণী বললেন, “তা কী করবো, ওঁর ইচ্ছা, ওঁকে আর তো কেউ শিখিয়ে দেয়নি?”
অবতারপুরুষদের সূক্ষ্ম বাসনার সঙ্গে সংগ্রাম
মানবপ্রকৃতির আলোচনায় স্পষ্ট বোঝা যায় যে, যার মন যত উঁচুতে ওঠে, সূক্ষ্ম বাসনারাজি তাকে তত তীব্র যাতনা দেয়। চুরি, মিথ্যা বা লাম্পট্য যে অসংখ্যবার করেছে, তার পক্ষে তেমন কাজ আবার করা তত কষ্টকর হয় না; কিন্তু উদার উচ্চ অন্তঃকরণ সেসব চিন্তা করামাত্রই নিজেকে দোষী সাব্যস্ত করে বিষম যন্ত্রণায় মুহ্যমান হয়। অবতারপুরুষদের আজীবন স্থূলভাবে বিষয়গ্রহণ থেকে অনেক ক্ষেত্রে বিরত থাকতে দেখা গেলেও, অন্তরের সূক্ষ্ম বাসনাশ্রেণির সঙ্গে সংগ্রাম যে তাঁরা আমাদের সমানই করেন এবং মনের ভিতর সেগুলির মূর্তি দেখে আমাদের চেয়ে শত-সহস্র গুণ বেশি যন্ত্রণা অনুভব করেন, এ কথা তাঁরা স্বয়ং স্পষ্টাক্ষরে স্বীকার করে গিয়েছেন। অতএব রূপরসাদি বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে ফেরাতে তাঁদের যে সংগ্রাম, তাকে ভান কীভাবে বলব?
অবতারপুরুষের মানবভাব সম্বন্ধে আপত্তি ও মীমাংসা
শাস্ত্রদর্শী কোনো পাঠক হয়তো এখনও বলবেন—“কিন্তু তোমার কথা মানি কী করে? এই দেখো, অদ্বৈতবাদীর শিরোমণি আচার্য শঙ্কর তাঁর গীতাভাষ্যের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও নরদেহধারণ সম্বন্ধে বলেছেন, ‘নিত্যশুদ্ধমুক্তস্বভাব, সকল জীবের নিয়ামক, জন্মাদিরহিত ঈশ্বর লোকানুগ্রহ করবেন বলে নিজ মায়াশক্তির দ্বারা যেন দেহবান হয়েছেন, যেন জন্মেছেন, এমন পরিলক্ষিত হন।’[2] স্বয়ং আচার্যই যখন এ কথা বলছেন, তখন তোমাদের আগের কথা দাঁড়ায় কী করে?” আমরা বলি, আচার্য এমন কথা বলেছেন সত্য, কিন্তু আমাদের দাঁড়াবার জায়গা আছে। আচার্যের সে কথা বুঝতে হলে আমাদের মনে রাখতে হবে যে, তিনি ঈশ্বরের দেহধারণ বা নামরূপবিশিষ্ট হওয়াটাকে যেমন ভান বলছেন, তেমনই সঙ্গে সঙ্গে তোমার, আমার এবং জগতের প্রত্যেক বস্তু ও ব্যক্তির নামরূপবিশিষ্ট হওয়াটাকে ভান বলছেন। সমস্ত জগৎটাকেই তিনি ব্রহ্মবস্তুর উপরে মিথ্যা ভান বলছেন বা জগতের বাস্তব সত্তা স্বীকার করছেন না।[3] অতএব তাঁর এই দুটি কথা একসঙ্গে গ্রহণ করলে তবেই তাঁর মীমাংসা বোঝা যাবে। অবতারের দেহধারণ ও সুখদুঃখাদি অনুভবগুলিকে মিথ্যা ভান বলে ধরব এবং আমাদের বেলায় সেগুলিকে সত্য বলব, এমন তাঁর অভিপ্রায় নয়। আমাদের অনুভব ও প্রত্যক্ষকে সত্য বললে অবতারপুরুষদের প্রত্যক্ষাদিকেও সত্য বলে ধরতে হবে। সুতরাং আগের কথায় আমরা অন্যায় কিছু বলিনি।
সে কথার অন্যভাবে আলোচনা
কথাটি আর একভাবে আলোচনা করলে পরিষ্কার বোঝা যাবে। অদ্বৈতভাব-ভূমি ও সাধারণ বা দ্বৈতভাব-ভূমি থেকে দেখলে জগৎ সম্বন্ধে দুই প্রকার ধারণা আমাদের মনে জাগে—শাস্ত্র এই কথা বলেন। প্রথমটিতে আরোহণ করে জগৎরূপ পদার্থটি কতটা সত্য বুঝতে গেলে প্রত্যক্ষ বোধ হয় যে, তা নেই বা কোনো কালে ছিল না—‘একমেবাদ্বিতীয়ং’ ব্রহ্মবস্তু ছাড়া অন্য কোনো বস্তু নেই; আর দ্বিতীয় বা দ্বৈতভাব-ভূমিতে থেকে জগৎটাকে দেখলে নানা নামরূপের সমষ্টি সেই জগৎকে সত্য ও নিত্য বর্তমান বলে বোধ হয়, যেমন আমাদের মতো মানবসাধারণের সর্বক্ষণ হচ্ছে। দেহস্থ থেকেও বিদেহভাবসম্পন্ন অবতার ও জীবন্মুক্ত পুরুষেরা জীবনে অনেক সময় অদ্বৈতভূমিতে অবস্থান করেন বলে নিচের দ্বৈতভূমিতে অবস্থানকালে জগৎটাকে স্বপ্নতুল্য মিথ্যা বলে তাঁদের ধারণা হয়। কিন্তু জাগ্রদবস্থার তুলনায় স্বপ্ন মিথ্যা বলে মনে হলেও স্বপ্ন দেখার সময় যেমন তাকে একেবারে মিথ্যা বলা যায় না, জীবন্মুক্ত ও অবতারপুরুষদের মনের জগদাভাসকেও তেমনই একেবারে মিথ্যা বলা চলে না।
উচ্চতর ভাবভূমি থেকে জগৎ সম্বন্ধে ভিন্ন উপলব্ধি
জগৎরূপ পদার্থটাকে ওই দুই ভূমি থেকে যেমন দুই ভাবে দেখতে পাওয়া যায়, তেমনই আবার তার অন্তর্গত কোনো ব্যক্তিবিশেষকেও সেইরকম দুই ভাবভূমি থেকে দুই প্রকারে দেখা যায়। দ্বৈতভাব-ভূমি থেকে দেখলে সেই ব্যক্তিকে বদ্ধ মানব এবং পূর্ণ অদ্বৈতভূমি থেকে দেখলে তাকে নিত্য-শুদ্ধ-মুক্তস্বরূপ ব্রহ্ম বলে বোধ হয়। পূর্ণ অদ্বৈতভূমি ভাবরাজ্যের সর্বোচ্চ প্রদেশ। সেখানে আরোহণ করার আগে মানব-মন উচ্চ থেকে উচ্চতর নানা ভাবভূমির ভিতর দিয়ে উঠে পরিশেষে গন্তব্যস্থলে পৌঁছয়। সেই সব উচ্চ থেকে উচ্চতর ভাবভূমিতে ওঠার সময় জগৎ ও তার অন্তর্গত ব্যক্তিবিশেষ ভিন্ন ভিন্ন ভাবে সাধকের কাছে প্রতীয়মান হতে থাকে এবং তাদের সম্বন্ধে তাঁর পূর্ব ধারণা নানাভাবে পরিবর্তিত হতে থাকে। যেমন—জগৎটাকে ভাবময় বলে বোধ হয়; অথবা ব্যক্তিবিশেষকে শরীর থেকে পৃথক, অদৃষ্টপূর্বশক্তিশালী, মনোময় বা দিব্য জ্যোতির্ময় ইত্যাদি বলে বোধ হতে থাকে!
অবতারপুরুষদের শক্তিতে মানব উচ্চভাবে উঠে তাঁদের মানবভাব–পরিশূন্য দেখে
অবতারপুরুষদের কাছে শ্রদ্ধা ও ভক্তি নিয়ে উপস্থিত হলে সাধারণ মানব অজ্ঞাতসারে সেই উচ্চ থেকে উচ্চতর ভাবভূমিতে আরূঢ় হয়। অবশ্য তাঁদের বিচিত্র শক্তিপ্রভাবেই এমন আরোহণসামর্থ্য আসে। অতএব বোঝা যাচ্ছে, সেই সব উচ্চভূমি থেকে তাঁদের এমন বিচিত্রভাবে দেখতে পেয়েই ভক্ত-সাধক তাঁদের সম্বন্ধে ধারণা করে বসেন যে, বিচিত্রশক্তিসম্পন্ন দিব্যভাবই তাঁদের যথার্থ স্বরূপ এবং সাধারণ মানুষ তাঁদের ভিতরে যে মানবভাব দেখতে পায়, তা তাঁরা মিথ্যা ভান করে তাদের দেখান। ভক্তি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-সাধকের প্রথমে ঈশ্বরের ভক্তদের সম্বন্ধে এবং পরে ঈশ্বরের জগৎ সম্বন্ধে তেমন ধারণা হতে দেখা যায়।
অবতারপুরুষদের মনের ক্রমোন্নতি—জীব ও অবতারের শক্তির প্রভেদ
আগে বলেছি, অবতারপুরুষদের জীবনে শৈশবকাল থেকে সময়ে সময়ে দেখা যায় যে, তাঁরা মনের উচ্চভূমিতে আরোহণ করে ভাবরাজ্যে দৃষ্ট বিষয়গুলির অস্তিত্ব জগতে প্রতিনিয়ত পরিদৃষ্ট বস্তু ও ব্যক্তিদের মতো দৃঢ়ভাবে অনুভব করেন। পরে, দিনের পর যতই দিন যেতে থাকে এবং এইরকম দর্শন তাঁদের জীবনে যত বারংবার হতে থাকে, ততই তাঁরা স্থূল, বাহ্য জগতের চেয়ে ভাবরাজ্যের অস্তিত্বেই অনেক বেশি বিশ্বাসী হয়ে পড়েন। পরিশেষে, সর্বোচ্চ অদ্বৈতভাবভূমিতে উঠে যে একমেবাদ্বিতীয়ং বস্তু থেকে নানা নামরূপময় জগতের বিকাশ হয়েছে, তার সন্ধান পেয়ে তাঁরা সিদ্ধকাম হন। জীবন্মুক্ত পুরুষদের ক্ষেত্রেও তেমনই হয়। তবে অবতারপুরুষেরা অতি অল্প সময়ে যে সত্যে উপনীত হন, তা উপলব্ধি করতে জীবন্মুক্ত পুরুষদের আজীবন চেষ্টা করতে হয়। অথবা, স্বয়ং অল্প সময়ে অদ্বৈতভূমিতে আরোহণ করতে পারলেও অপরকে সেই ভূমিতে আরোহণ করিয়ে দেওয়ার শক্তি তাঁদের ভিতর অবতারপুরুষদের তুলনায় অতি অল্পমাত্রই প্রকাশিত হয়। এ বিষয়ে ঠাকুরের শিক্ষা স্মরণ করো—“জীব ও অবতারে শক্তির প্রকাশ নিয়েই প্রভেদ।”
অবতার—দেবমানব, সর্বজ্ঞ
অদ্বৈতভূমিতে কিছুকাল অবস্থান করে জগৎকারণের সাক্ষাৎ প্রত্যক্ষে পরিতৃপ্ত হয়ে অবতারপুরুষেরা যখন পুনরায় মনের নিম্নভূমিতে অবরোহণ করেন, তখন সাধারণ দৃষ্টিতে মানবমাত্র থাকলেও তাঁরা যথার্থই অমানব বা দেবমানব পদবি লাভ করেন। তখন তাঁরা জগৎ ও তার কারণ, উভয় পদার্থকে সাক্ষাৎ প্রত্যক্ষ করেন এবং তুলনায় বাহ্যান্তর জগৎটার ছায়ার মতো অস্তিত্ব সর্বদা সর্বত্র অনুভব করতে থাকেন। তখন তাঁদের ভিতর দিয়ে মনে অসাধারণ উচ্চশক্তিসমূহ আপনা থেকে লোকহিতায় নিত্য প্রকাশিত হতে থাকে এবং জগতে পরিদৃষ্ট সকল পদার্থের আদি, মধ্য ও অন্ত সম্যক অবগত হয়ে তাঁরা সর্বজ্ঞত্ব লাভ করেন। আমরা স্থূলদৃষ্টিসম্পন্ন মানবেরা তখনই তাঁদের অলৌকিক চরিত্র ও আচরণাদি প্রত্যক্ষ করে তাঁদের অভয় শরণ গ্রহণ করি এবং তাঁদের অপার করুণায় পুনরায় এ কথা হৃদয়ঙ্গম করি যে—বহির্মুখী বৃত্তি নিয়ে বাহ্যজগতে পরিদৃষ্ট বস্তু ও ব্যক্তিদের অবলম্বন করে যথার্থ সত্যলাভ, বা জগৎকারণের অনুসন্ধান ও শান্তিলাভ কখনই সফল হওয়ার নয়।
বহির্মুখী বৃত্তি নিয়ে জড়বিজ্ঞানের আলোচনায় জগৎকারণের জ্ঞানলাভ অসম্ভব
পাশ্চাত্যবিদ্যা-পারদর্শী পাঠক আমাদের এই কথা শুনে নিশ্চয় বলবেন—বাহ্যজগতের বস্তু ও ব্যক্তিদের অবলম্বন করে অনুসন্ধানের ফলে মানবের জ্ঞান আজকাল কতটা উন্নত হয়েছে ও প্রতিদিন হচ্ছে, তা যে দেখেছে সে এমন কথা কখনই বলতে পারে না। উত্তরে আমরা বলি—জড়বিজ্ঞানের উন্নতিতে মানবের জ্ঞানবৃদ্ধির কথা সত্য হলেও তার সাহায্যে আমরা কখনই পূর্ণসত্য লাভ করতে পারব না। কারণ, যে বিজ্ঞান জগৎকারণকে জড় অথবা আমাদের চেয়েও অধম, নিকৃষ্ট দরের বস্তু বলে ধারণা করতে শেখাচ্ছে, তার উন্নতিতে আমরা ক্রমশ বহির্মুখ হয়ে আরও বেশি রূপরসাদি-ভোগলাভকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে স্থির করে বসছি। অতএব, একমাত্র জড়বস্তু থেকে জগতের সব বস্তু উৎপন্ন হয়েছে—এ কথা যন্ত্রের সাহায্যে কোনোদিন প্রমাণ করতে পারলেও অন্তর-রাজ্যের বিষয়গুলি আমাদের কাছে চিরকালই অন্ধকারাবৃত ও অপ্রমাণিত থাকবে। ভোগবাসনা ত্যাগ করা ও অন্তর্মুখী বৃত্তিসম্পন্ন হওয়ার ভিতর দিয়েই মানবের মুক্তিলাভের পথ, এ কথা যতদিন না হৃদয়ঙ্গম হবে, ততদিন আমাদের পক্ষে দেশকালাতীত অখণ্ড সত্য লাভ করে শান্তি পাওয়া সুদূরপরাহতই থাকবে।
অবতারপুরুষদের আশৈশব ভাবতন্ময়ত্ব
ভাবরাজ্যের বিষয় নিয়ে বাল্যকালে সময়ে সময়ে তন্ময় হয়ে যাওয়ার কথা সব অবতারপুরুষের জীবনেই শোনা যায়। শ্রীকৃষ্ণ বাল্যকালে নিজের দেবত্বের পরিচয় নানা সময়ে পিতামাতা ও বন্ধুবান্ধবদের হৃদয়ঙ্গম করিয়ে দিয়েছিলেন; বুদ্ধ বাল্যে উদ্যানে বেড়াতে গিয়ে জম্বুবৃক্ষতলে সমাধিস্থ হয়ে দেবতা ও মানবের নয়নাকর্ষণ করেছিলেন; ঈশা বাল্যে বন্য পাখিদের প্রেমে আকর্ষণ করে নিজের হাতে খাইয়েছিলেন; শঙ্কর মাতাকে দিব্যশক্তির প্রভাবে মুগ্ধ ও আশ্বস্ত করে বাল্যেই সংসারত্যাগ করেছিলেন; এবং চৈতন্য বাল্যেই দিব্যভাবে আবিষ্ট হয়ে ঈশ্বরপ্রেমিকেরা হেয়-উপাদেয় সব বস্তুর ভিতরেই ঈশ্বরপ্রকাশ দেখতে পান, এ কথার আভাস দিয়েছিলেন। ঠাকুরের জীবনেও এইরকম ঘটনার অভাব নেই। দৃষ্টান্তস্বরূপ কয়েকটি এখানে উল্লেখ করছি।
ঠাকুরের ছয় বছর বয়সে প্রথম ভাবাবেশের কথা
ঘটনাগুলি ঠাকুরের নিজমুখে শুনে আমরা বুঝেছি, ভাবরাজ্যে তিনি প্রথম তন্ময় হয়েছিলেন অতি অল্প বয়সেই। ঠাকুর বলতেন—“ওদেশে (কামারপুকুরে) ছেলেদের ছোট ছোট টেকোয়[4] করে মুড়ি খেতে দেয়। যাদের ঘরে টেকো নেই, তারা কাপড়েই মুড়ি খায়। ছেলেরা কেউ টেকোয়, কেউ কাপড়ে মুড়ি নিয়ে খেতে খেতে মাঠে-ঘাটে বেড়িয়ে বেড়ায়। সেটা জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে; আমার তখন ছয় কি সাত বছর বয়স। একদিন সকালবেলা টেকোয় মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছি। আকাশে একখানা সুন্দর জলভরা মেঘ উঠেছে—তাই দেখছি ও খাচ্ছি। দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে, এমন সময় একঝাঁক সাদা দুধের মত বক ঐ কাল মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। সে এমন এক বাহার হলো! —দেখতে দেখতে অপূর্ব ভাবে তন্ময় হয়ে এমন একটা অবস্থা হলো যে, আর হুঁশ রইলো না! পড়ে গেলুম—মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে গেল। কতক্ষণ ঐভাবে পড়েছিলাম বলতে পারি না, লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ী নিয়ে এসেছিল। সেই প্রথম ভাবে বেহুঁশ হয়ে যাই।”
৺বিশালাক্ষী দর্শন করতে গিয়ে ঠাকুরের দ্বিতীয় ভাবাবেশের কথা
ঠাকুরের জন্মস্থান কামারপুকুরের এক ক্রোশ আন্দাজ উত্তরে আনুড় নামে গ্রাম। আনুড়ের বিষলক্ষ্মী[5] জাগ্রতা দেবী। চারপাশের দূর-দূরান্তরের গ্রাম থেকে গ্রামবাসীরা নানারকম কামনা পূরণের জন্য দেবীর উদ্দেশে পূজা মানত করে এবং অভীষ্টসিদ্ধি হলে যথাকালে এসে পূজা বলি প্রভৃতি দিয়ে যায়। অবশ্য, আগন্তুক যাত্রীদের মধ্যে স্ত্রীলোকের সংখ্যাই বেশি হয় এবং রোগশান্তির কামনাই অন্যান্য কামনার চেয়ে বেশি লোককে এখানে টেনে আনে। দেবীর প্রথম আবির্ভাব ও আত্মপ্রকাশের গল্প ও গান করতে করতে সদ্বংশের গ্রাম্য স্ত্রীলোকেরা দলবদ্ধ হয়ে নিঃশঙ্কচিত্তে প্রান্তর পেরিয়ে দেবীদর্শনে আসছেন—এ দৃশ্য এখনও দেখা যায়। ঠাকুরের বাল্যকালে কামারপুকুর প্রভৃতি গ্রাম যে বহুলোকপূর্ণ এবং এখনকার চেয়ে অনেক বেশি সমৃদ্ধিশালী ছিল, তা জনশূন্য জঙ্গলপূর্ণ ইটের ভাঙা বাড়ি, জীর্ণ পতিত দেবমন্দির, রাসমঞ্চ প্রভৃতি নিদর্শন দেখে বেশ বোঝা যায়। সেজন্য আমাদের অনুমান, আনুড়ের দেবীর কাছে তখন যাত্রীর সংখ্যাও অনেক বেশি ছিল।
প্রান্তরের মধ্যে শূন্য অম্বরতলেই দেবীর অবস্থান, বর্ষা-রোদ থেকে রক্ষার জন্য কৃষকেরা বছর বছর সামান্য পাতার ছাউনি করে দেয় মাত্র। ইটের তৈরি মন্দির যে এককালে ছিল, তার পরিচয় পাশের ভগ্নস্তূপে পাওয়া যায়। সেই মন্দিরের কথা গ্রামবাসীদের জিজ্ঞাসা করলে বলে, দেবী স্বেচ্ছায় তা ভেঙে ফেলেছেন। বলে –
গ্রামের রাখালবালকেরা দেবীর প্রিয় সঙ্গী; সকাল থেকে তারা এখানে এসে গরু ছেড়ে দিয়ে বসবে, গল্প-গান করবে, খেলা করবে, বনফুল তুলে তাঁকে সাজাবে এবং দেবীর উদ্দেশে যাত্রী বা পথিকের দেওয়া মিষ্টান্ন ও পয়সা নিজেরা নিয়ে আনন্দ করবে—এসব মিষ্টি উপদ্রব না হলে তিনি থাকতে পারেন না। এক সময়ে কোনো গ্রামের এক ধনী লোকের অভীষ্টপূরণ হওয়ায় সে ওই মন্দির নির্মাণ করে দেয় এবং দেবীকে তার মধ্যে প্রতিষ্ঠিত করে। পুরোহিত সকাল সন্ধ্যা রোজ যেমন আসে, এসে পূজা করে মন্দিরের দরজা বন্ধ করে যেতে লাগল এবং পূজার সময় ছাড়া অন্য সময়ে যে-সব দর্শনার্থী আসত, তারা দরজার জাফরির ফাঁক দিয়ে দর্শনী-প্রণামী মন্দিরের মধ্যে ছুড়ে দিয়ে যেতে লাগল। কাজেই কৃষাণবালকদের আর আগের মতো সেসব পয়সা আত্মসাৎ করে মিঠাই-মিষ্টি কিনে দেবীকে একবার দেখিয়ে খাওয়া ও আনন্দ করার সুবিধা রইল না। তারা ক্ষুণ্ণমনে মাকে জানাল—মা, মন্দিরে ঢুকে আমাদের খাওয়া বন্ধ করলি? তোর দৌলতে রোজ লাড্ডু মোয়া খেতাম, এখন আমাদের আর ওসব কে খেতে দেবে? সরল কৃষাণবালকদের এই অভিযোগ দেবী শুনলেন এবং সেই রাতে মন্দির এমন ফেটে গেল যে, পরদিন ঠাকুর চাপা পড়ার ভয়ে পুরোহিত শশব্যস্তে দেবীকে আবার বাইরে অম্বরতলে এনে রাখল! সেই থেকে যে-কেউ আবার মন্দির নির্মাণের চেষ্টা করেছে, তাকেই দেবী স্বপ্নে বা অন্য নানা উপায়ে জানিয়েছেন, সে কাজ তাঁর অভিপ্রেত নয়। গ্রামবাসীরা বলে—তাদের কাউকে কাউকে মা ভয় দেখিয়েও থামিয়ে দিয়েছেন! —স্বপ্নে বলেছেন, “আমি রাখালবালকদের সঙ্গে মাঠের মাঝে বেশ আছি; মন্দিরমধ্যে আমায় আবদ্ধ করলে তোর সর্বনাশ করবো—বংশে কাকেও জীবিত রাখবো না!”
ঠাকুরের আট বছর বয়স—এখনও উপনয়ন হয়নি। গ্রামের ভদ্রঘরের অনেকগুলি স্ত্রীলোক একদিন দলবদ্ধ হয়ে ওইভাবে ৺বিশালাক্ষী দেবীর মানত শোধ করতে মাঠ ভেঙে চললেন। ঠাকুরের নিজের পরিবারের দু-একজন স্ত্রীলোক এবং গ্রামের জমিদার ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্ন এঁদের সঙ্গে ছিলেন। প্রসন্নের সরলতা, ধর্মপ্রাণতা, পবিত্রতা ও অমায়িকতা সম্বন্ধে ঠাকুরের উচ্চ ধারণা ছিল। সব বিষয়ে প্রসন্নকে জিজ্ঞাসা করে তাঁর পরামর্শমতো চলতে ঠাকুর মাতাঠাকুরানীকে অনেকবার বলেছিলেন এবং প্রসন্নের কথা সময়ে সময়ে নিজের স্ত্রীভক্তদেরও বলতেন। প্রসন্নও ঠাকুরকে বালককাল থেকে অকৃত্রিম স্নেহ করতেন এবং অনেক সময় তাঁকে যথার্থ গদাধর বলেই জ্ঞান করতেন। সরলা স্ত্রীলোকটি গদাধরের মুখে ঠাকুর-দেবতার পুণ্যকথা এবং ভক্তিপূর্ণ সংগীত শুনে মোহিত হয়ে অনেকবার তাঁকে জিজ্ঞাসা করতেন—“হ্যাঁ গদাই, তোকে সময়ে সময়ে ঠাকুর বলে মনে হয় কেন বল্ দেখি? হ্যাঁ রে, সত্যিসত্যিই ঠাকুর মনে হয়!” গদাই শুনে মধুর হাসি হাসতেন, কিন্তু কিছুই বলতেন না; অথবা অন্য পাঁচ কথা পেড়ে তাঁকে ভোলাবার চেষ্টা করতেন। প্রসন্ন সে-সব কথায় না ভুলে গম্ভীরভাবে ঘাড় নেড়ে বলতেন—“তুই যা-ই বলিস্, তুই কিন্তু মানুষ নোস্।” প্রসন্ন ৺রাধাকৃষ্ণবিগ্রহ স্থাপন করে নিজের হাতে নিত্যসেবার আয়োজন করে দিতেন। পালপার্বণে সেই মন্দিরে যাত্রাগান হত। প্রসন্ন কিন্তু তার অল্পই শুনতেন। জিজ্ঞাসা করলে বলতেন, “গদাইয়ের গান শুনে আর কোন গান মিঠে লাগেনি—গদাই কান খারাপ করে দিয়ে গিয়েছে।” —অবশ্য এসব অনেক পরের কথা।
স্ত্রীলোকেরা যাচ্ছেন দেখে বালক গদাই বলে বসলেন, “আমিও যাব।” বালকের কষ্ট হবে ভেবে স্ত্রীলোকেরা নানাভাবে নিষেধ করলেও গদাধর কোনো কথা না শুনে সঙ্গে সঙ্গে চললেন। এতে স্ত্রীলোকদের আনন্দই হল, বিরক্তি হল না। কারণ সর্বদা প্রফুল্লচিত্ত রঙ্গরসপ্রিয় বালক কার না মন হরণ করে? তার উপর এই অল্প বয়সে গদাইয়ের ঠাকুরদেবতার গান ছড়া সব কণ্ঠস্থ। পথে চলতে চলতে তাঁরা অনুরোধ করলে তার দু-চারটে সে বলবেই বলবে। আর ফেরার সময় তার খিদে পেলেও ক্ষতি নেই, দেবীর প্রসাদী নৈবেদ্য, দুধ এসব তো তাঁদের সঙ্গেই থাকবে; তবে আর কী? গদাই সঙ্গে গেলে বিরক্ত হওয়ার কী আছে বল। রমণীরা এইরকম নানা কথা ভেবে গদাইকে সঙ্গে নিয়ে নিঃশঙ্কচিত্তে পথ বেয়ে চললেন এবং তাঁরা যেমন ভেবেছিলেন, গদাইও তেমনি ঠাকুরদেবতার গল্প গান করতে করতে খুশিমনে চলতে লাগলেন।
কিন্তু বিশালাক্ষী দেবীর মহিমা কীর্তন করতে করতে প্রান্তর পার হওয়ার আগেই এক অভাবনীয় ঘটনা ঘটল। বালক গান করতে করতে সহসা থেমে গেল, তার অঙ্গপ্রত্যঙ্গ অবশ আড়ষ্ট হয়ে গেল, চোখে অবিরল জলধারা বইতে লাগল এবং ‘কী অসুখ করছে?’ বলে তাঁরা বারংবার সস্নেহে ডাকলেও সাড়া পর্যন্ত দিল না। পথ চলতে অনভ্যস্ত, কোমল বালকের রোদ লেগে সর্দিগরমি হয়েছে ভেবে রমণীরা বিশেষ শঙ্কিত হলেন এবং কাছের পুকুর থেকে জল এনে বালকের মাথায় ও চোখে দিতে লাগলেন। কিন্তু তাতেও বালকের সংজ্ঞা একটুও ফিরল না দেখে তাঁরা নিতান্ত নিরুপায় হয়ে ভাবতে লাগলেন—এখন উপায়? দেবীর মানত পূজাই বা কেমন করে দেওয়া হয় এবং পরের বাছা গদাইকেই বা ভালোয় ভালোয় কীভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়! প্রান্তরে জনমানব নেই যে সাহায্য করে। এখন উপায়? স্ত্রীলোকেরা বিশেষ বিপদে পড়লেন এবং ঠাকুরদেবতার কথা ভুলে বালককে ঘিরে বসে কখনও বাতাস করতে, কখনও জল ছিটোতে এবং কখনও বা তার নাম ধরে ডাকাডাকি করতে লাগলেন।
কিছুক্ষণ এভাবে কাটলে প্রসন্নের প্রাণে সহসা উদয় হল—বিশ্বাসী সরল বালকের উপর দেবীর ভর হয়নি তো? সরলপ্রাণ পবিত্র বালক ও স্ত্রীপুরুষের উপরেই তো দেবদেবীর ভর হয়, শুনেছি। প্রসন্ন সঙ্গী রমণীদের সে কথা বললেন এবং এখন থেকে গদাইকে না ডেকে একমনে ৺বিশালাক্ষীর নাম করতে অনুরোধ করলেন। প্রসন্নের পুণ্যচরিত্রের জন্য তাঁর উপর রমণীদের শ্রদ্ধা আগে থেকেই ছিল, সুতরাং তাঁরা সহজেই সে কথায় বিশ্বাস করে এখন দেবীজ্ঞানে বালককেই সম্বোধন করে বারংবার বলতে লাগলেন—‘মা বিশালাক্ষি, প্রসন্না হও; মা, রক্ষা কর; মা বিশালাক্ষি, মুখ তুলে চাও; মা, অকূলে কূল দাও!’
আশ্চর্য! রমণীরা এভাবে কয়েকবার দেবীর নাম নিতে না নিতেই গদাইয়ের মুখমণ্ডল মধুর হাসিতে রঞ্জিত হয়ে উঠল এবং বালকের অল্প অল্প সংজ্ঞা ফেরার লক্ষণ দেখা গেল। তখন আশ্বস্ত হয়ে তাঁরা বালকের শরীরে বাস্তবিকই দেবীর ভর হয়েছে স্থির করে তাঁকে পুনঃপুনঃ প্রণাম করতে ও মাতৃসম্বোধনে প্রার্থনা জানাতে লাগলেন।[6]
ক্রমে সংজ্ঞা ফিরে পেয়ে বালক প্রকৃতিস্থ হল এবং আশ্চর্যের বিষয়, আগের সেই অবস্থার জন্য তার শরীরে কোনো অবসাদ বা দুর্বলতা দেখা গেল না। রমণীরা তখন তাঁকে নিয়ে ভক্তিগদগদ-চিত্তে ৺দেবীস্থানে পৌঁছলেন এবং যথাবিধি পূজা দিয়ে বাড়ি ফিরে ঠাকুরের মায়ের কাছে সব কথা আদ্যোপান্ত নিবেদন করলেন। তিনি তা শুনে ভয় পেয়ে গদাইয়ের কল্যাণের জন্য সেদিন কুলদেবতা ৺রঘুবীরের বিশেষ পূজা দিলেন এবং বিশালাক্ষীর উদ্দেশে পুনঃপুনঃ প্রণাম করে তাঁরও বিশেষ পূজা অঙ্গীকার করলেন।
শিবরাত্রিকালে শিব সেজে ঠাকুরের তৃতীয় ভাবাবেশ
শ্রীরামকৃষ্ণ-জীবনের আর একটি ঘটনা বাল্যকাল থেকে তাঁর উচ্চ ভাবভূমিতে মধ্যে মধ্যে আরূঢ় হওয়ার বিশেষ সাক্ষ্য দেয়। ঘটনাটি এরকম হয়েছিল –
কামারপুকুরে ঠাকুরের পিত্রালয়ের দক্ষিণ-পশ্চিমে কিছু দূরে একঘর সুবর্ণবণিক বাস করত। পাইনরা যে তখন বিশেষ সমৃদ্ধ ছিল, তার পরিচয় তাদের প্রতিষ্ঠিত বিচিত্র কারুকার্যখচিত ইটের শিবমন্দিরে এখনও পাওয়া যায়। এ পরিবারের দু-একজন মাত্র এখনও বেঁচে আছে এবং ঘরদোর ভেঙে ভূমিসাৎ হয়েছে। গ্রামের লোকের কাছে শোনা যায়, পাইনদের তখন বিশেষ শ্রীবৃদ্ধি ছিল, বাড়িতে লোক ধরত না এবং জমিজেরাত, চাষবাস, গরু-লাঙলও যেমন ছিল, নিজেদের ব্যবসায়েও তেমনি বেশ দু-পয়সা আয় ছিল। তবে পাইনরা গ্রামের জমিদারদের মতো ধনাঢ্য ছিল না, ছিল মধ্যবিত্ত গৃহস্থ-শ্রেণির।
পাইনদের কর্তা বিশেষ ধর্মনিষ্ঠ ছিলেন। সামর্থ্য থাকলেও নিজের বসতবাড়িটি ইটের করার চেষ্টা করেননি, বরাবর মাঠকোঠাতেই[7] বাস করতেন; দেবালয়টি কিন্তু ইট পুড়িয়ে বিশিষ্ট শিল্পী লাগিয়ে সুন্দরভাবে নির্মাণ করেছিলেন। কর্তার নাম ছিল সীতানাথ। তাঁর সাত ছেলে ও আট মেয়ে ছিল; এবং বিয়ে হলেও মেয়েগুলি, কী কারণে বলতে পারি না, সর্বদা বাপের বাড়িতেই থাকত। শুনেছি, ঠাকুরের যখন দশ-বারো বছর বয়স, তখন তাদের মধ্যে সবচেয়ে ছোটটি যৌবনে পদার্পণ করেছে। মেয়েগুলি সকলেই রূপবতী ও দেবদ্বিজ-ভক্তিপরায়ণ ছিল এবং প্রতিবেশী বালক গদাইকে বিশেষ স্নেহ করত। ঠাকুর বাল্যকালে অনেক সময় এই ধর্মনিষ্ঠ পরিবারের মধ্যে কাটাতেন এবং পাইনদের বাড়িতে উচ্চ ভাবভূমিতে উঠে তিনি অনেক লীলা করেছিলেন, সে কথা এখনও গ্রামে শোনা যায়। এই ঘটনাটি কিন্তু আমরা ঠাকুরের কাছেই শুনেছিলাম।
কামারপুকুরে বিষ্ণুভক্তি ও শিবভক্তি পরস্পর দ্বেষাদ্বেষি না করে বেশ পাশাপাশি চলত বলে বোধ হয়। এখনও শিবের গাজনের মতো বছর বছর বিষ্ণুর চব্বিশপ্রহরী নামসংকীর্তন সমারোহে হয়; তবে শিবমন্দির ও শিবস্থানের সংখ্যা বিষ্ণুমন্দিরের চেয়ে বেশি। সুবর্ণবণিকদের মধ্যে অনেকেই গোঁড়া বৈষ্ণব হয়; নিত্যানন্দ প্রভু উদ্ধারণ দত্তকে দীক্ষা দিয়ে উদ্ধার করার পর থেকে সেই জাতির মধ্যে বৈষ্ণব মত বিশেষ প্রচলিত। কামারপুকুরের পাইনরা কিন্তু শিব ও বিষ্ণু উভয়েরই ভক্ত ছিল। বৃদ্ধ কর্তা পাইন একদিকে যেমন ত্রিসন্ধ্যা হরিনাম করতেন, অন্যদিকে তেমনই শিবপ্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতি বছর শিবরাত্রিব্রত পালন করতেন। রাত জাগতে সহায়ক হবে বলে ব্রতের সময় পাইনদের বাড়িতে যাত্রাগানের বন্দোবস্ত হত।
একবার শিবরাত্রি-ব্রতের সময় পাইনদের বাড়িতে সেইরকমই যাত্রার বন্দোবস্ত হয়েছে। নিকটবর্তী গ্রামেরই দল শিবমহিমাসূচক পালা গাইবে, রাত একদণ্ড হলে যাত্রা বসবে। সন্ধ্যার সময় সংবাদ পাওয়া গেল, যাত্রার দলে যে বালক শিব সাজে, তার হঠাৎ কঠিন অসুখ হয়েছে, শিব সাজার লোক অনেক খুঁজেও পাওয়া যাচ্ছে না। অধিকারী হতাশ হয়ে আজকের মতো যাত্রা বন্ধ রাখতে মিনতি করে পাঠিয়েছেন। এখন উপায়? শিবরাত্রিতে রাত জাগা কেমন করে হয়? বৃদ্ধেরা পরামর্শ করতে বসলেন এবং অধিকারীকে জিজ্ঞাসা করে পাঠালেন, শিব সাজার লোক দিলে তিনি আজ রাতে যাত্রা করতে পারবেন কি না। উত্তর এল, শিব সাজার লোক পেলে পারব। গ্রাম পঞ্চায়েত আবার পরামর্শ জুড়ল, শিব সাজতে কাকে অনুরোধ করা যায়। স্থির হল, গদাইয়ের বয়স অল্প হলেও সে অনেক শিবের গান জানে এবং শিব সাজলে তাকে দেখাবেও ভালো, তাকেই বলা যাক। তবে শিব সেজে একটু আধটু কথাবার্তা যা বলার, তা অধিকারী নিজেই কৌশলে চালিয়ে নেবে। গদাধরকে বলা হল, সকলের আগ্রহ দেখে তিনি সে কাজে সম্মত হলেন। আগের কথামতো রাত একদণ্ড হলে যাত্রা বসল।
গ্রামের জমিদার ধর্মদাস লাহার সঙ্গে ঠাকুরের পিতার বিশেষ সৌহার্দ্য থাকায়, ধর্মদাসের জ্যেষ্ঠ পুত্র গয়াবিষ্ণু লাহা ও ঠাকুর দুজনে ‘সেঙাত’ পাতিয়েছিলেন। ‘সেঙাত’ শিব সাজবেন জেনে গয়াবিষ্ণু ও তাঁর দলবল মিলে ঠাকুরকে সেইমতো বেশভূষায় সাজিয়ে দিতে লাগলেন। ঠাকুর শিব সেজে সাজঘরে বসে শিবের কথা ভাবছিলেন, এমন সময় আসরে তাঁর ডাক পড়ল এবং বন্ধুদের মধ্যে একজন পথ দেখিয়ে তাঁকে সেদিকে নিয়ে যেতে এল। বন্ধুর ডাকে ঠাকুর উঠলেন এবং কেমন উন্মনাভাবে কোনোদিকে লক্ষ না করে ধীরমন্থর গতিতে সভাস্থলে এসে স্থিরভাবে দাঁড়ালেন। তখন ঠাকুরের সেই জটাজটিল বিভূতিমণ্ডিত বেশ, সেই ধীরস্থির পাদক্ষেপ ও পরে অচল অটল অবস্থিতি, বিশেষত সেই অপার্থিব অন্তর্মুখী নির্নিমেষ দৃষ্টি ও অধরকোণে ঈষৎ হাস্যরেখা দেখে লোকে আনন্দে ও বিস্ময়ে মোহিত হয়ে পল্লিগ্রামের প্রথামতো সহসা উচ্চস্বরে হরিধ্বনি করে উঠল এবং রমণীদের কেউ কেউ উলুধ্বনি ও শঙ্খধ্বনি করতে লাগল। তারপর সকলকে শান্ত করার জন্য অধিকারী সেই গোলযোগের মধ্যেই শিবস্তুতি আরম্ভ করলেন। এতে শ্রোতারা কিছুটা শান্ত হল বটে, কিন্তু পরস্পরকে ইশারা করে ও গা ঠেলে ‘বাহবা, বাহবা’, ‘গদাইকে কী সুন্দর দেখাচ্ছে’, ‘ছোঁড়া শিবের পালাটা এত সুন্দর করতে পারবে তা কিন্তু ভাবিনি’, ‘ছোঁড়াকে বাগিয়ে নিয়ে আমাদের একটা যাত্রার দল করলে হয়’ ইত্যাদি নানা কথা চাপা গলায় বলতে লাগল। গদাধর কিন্তু তখনও সেই একইভাবে দাঁড়িয়ে আছেন, আর তাঁর বুক বেয়ে অবিরত নয়নাশ্রু ঝরছে। এভাবে কিছুক্ষণ কাটলে গদাধর তখনও নড়াচড়া বা বলা-কওয়া কিছুই করছেন না দেখে অধিকারী ও পাড়ার বৃদ্ধ দু-একজন বালকের কাছে গিয়ে দেখেন, তার হাত-পা অসাড়—বালক সম্পূর্ণ সংজ্ঞাশূন্য। তখন গোলমাল দ্বিগুণ বেড়ে উঠল। কেউ বলল—জল, চোখে মুখে জল দাও; কেউ বলল—বাতাস কর; কেউ বলল—শিবের ভর হয়েছে, নাম কর; আবার কেউ বলল—ছোঁড়াটা রসভঙ্গ করলে, যাত্রাটা আর শোনা হল না দেখচি! যা হোক, বালকের কিছুতেই সংজ্ঞা ফিরছে না দেখে যাত্রা ভেঙে গেল এবং কয়েকজন গদাধরকে কাঁধে করে কোনোমতে বাড়ি পৌঁছে দিল। শুনেছি সে রাতে গদাধরের সে ভাব বহু চেষ্টাতেও ভাঙেনি এবং বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছিল। পরে সূর্যোদয় হলে তিনি আবার প্রকৃতিস্থ হয়েছিলেন।[8]
[1] গুরুভাব – পূর্বার্ধ, ১ম অধ্যায়, এবং ২য় অধ্যায়, দেখো।
[2] “স চ ভগবান্ … অজোঽব্যয়ো ভূতানামীশ্বরো নিত্যশুদ্ধমুক্তস্বভাবোঽপি সন্ স্বমায়য়া দেহবানিব জাত ইব লোকানুগ্রহং কুর্বন্ লক্ষ্যতে।” — গীতা – শাঙ্করভাষ্যের উপক্রমণিকা।
[3] শারীরকভাষ্যে অধ্যাসনিরূপণ দেখো।
[4] চুবড়ি।
[5] সেই দেবীর নাম বিষলক্ষ্মী না বিশালাক্ষী, তা স্থির করা কঠিন। প্রাচীন বাংলা গ্রন্থে মনসাদেবীর অন্য নাম বিষহরি দেখা যায়। বিষহরি শব্দটি সহজেই বিষলক্ষ্মীতে পরিণত হতে পারে। আবার মনসামঙ্গলাদি গ্রন্থে মনসাদেবীর রূপবর্ণনায় বিশালাক্ষী শব্দেরও প্রয়োগ আছে। অতএব মনসাদেবীই সম্ভবত বিষলক্ষ্মী বা বিশালাক্ষী নামে অভিহিত হয়ে এখানে লোকের পূজা গ্রহণ করেন। বিষলক্ষ্মী বা বিশালাক্ষী দেবীর পূজা রাঢ়ের অন্যত্র অনেক জায়গাতেও দেখা যায়। কামারপুকুর থেকে ঘাটাল আসার পথে এক জায়গায় আমরা সেই দেবীর একটি সুন্দর মন্দির দেখেছিলাম। মন্দির–সংলগ্ন নাটমন্দির, পুকুর, বাগিচা প্রভৃতি দেখে ধারণা হয়েছিল, এখানে পূজার বিশেষ বন্দোবস্ত আছে।
[6] কেউ কেউ বলেন, এই সময়ে ভক্তির আতিশয্যে স্ত্রীলোকেরা বিশালাক্ষীর জন্য আনা নৈবেদ্যাদি বালককে খেতে দিয়েছিলেন।
[7] বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে তৈরি দোতলা বাড়িকে পল্লিগ্রামে ‘মাঠকোঠা’ বলে। এতে ইট লাগে না।
[8] কেউ কেউ বলেন, তিনি তিনদিন একইভাবে সেই অবস্থায় ছিলেন।
ঠাকুরের বাল্যজীবনে ভাবতন্ময়তার পরিচায়ক অন্যান্য দৃষ্টান্ত
ভাবতন্ময়তা সম্বন্ধে যে ঘটনাগুলির কথা আগে বলা হয়েছে, সেগুলি ছাড়া ঠাকুরের বাল্যজীবনের আরও অনেক কথা শোনা যায়। ছোটখাটো অনেক বিষয়ে তাঁর মনের এইরকম স্বভাবের পরিচয় আমরা সময়ে সময়ে পাই।
যেমন— গ্রামের কুমোর শিবদুর্গাদি দেবদেবীর প্রতিমা গড়ছে, বয়স্যদের সঙ্গে ইচ্ছামতো বেড়াতে বেড়াতে ঠাকুর সেখানে এসে মূর্তিগুলি দেখতে দেখতে সহসা বললেন, “এ কী হয়েছে? দেব-চক্ষু কি এরকম হয়? এইভাবে আঁকতে হয়”—বলে যেভাবে টান দিয়ে আঁকলে চোখে অমানব শক্তি, করুণা, অন্তর্মুখীনতা ও আনন্দের একত্র সমাবেশ হয়ে মূর্তিগুলি জীবন্ত দেবভাবে ভরে উঠবে, কুমোরকে তা বুঝিয়ে দিলেন। বালক গদাধর কখনও শিক্ষালাভ না করে কেমন করে সে কথা বুঝতে ও বোঝাতে পারল, সকলে অবাক হয়ে তা ভাবতে লাগল এবং এর কারণ খুঁজে পেল না।
যেমন— খেলার ছলে বয়স্যদের সঙ্গে কোনো এক দেবতার পূজা করার সংকল্প করে ঠাকুর স্বহস্তে সেই মূর্তি এমন সুন্দরভাবে গড়লেন ও আঁকলেন যে, লোকে দেখে তা দক্ষ কুমোর বা পটুয়ার কাজ বলে স্থির করল।
যেমন— অযাচিত অতর্কিতভাবে কোনো একজনকে এমন একটি কথা বললেন, যাতে তার মনোগত বহুকালের সন্দেহজাল কেটে গেল এবং সে তার ভাবী জীবন নিয়ন্ত্রণ করার বিশেষ সন্ধান ও শক্তি লাভ করে স্তম্ভিতহৃদয়ে ভাবতে লাগল, বালক গদাইকে আশ্রয় করে তার আরাধ্য দেবতা কী করুণায় তাকে এভাবে পথ দেখালেন!
যেমন—শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা যে প্রশ্নের মীমাংসা করতে পারছে না, বালক গদাই তা এক কথায় মিটিয়ে দিয়ে সকলকে চমৎকৃত করলেন।[1]
ঠাকুরের জীবনের এই সব ঘটনার ছয় প্রকার শ্রেণিনির্দেশ
ঠাকুরের বাল্যজীবন সম্বন্ধে এইরকম যে-সব অদ্ভুত ঘটনা আমরা শুনেছি, তার সবগুলিই যে তাঁর উচ্চ ভাবভূমিতে আরোহণ করে দিব্যশক্তি প্রকাশ করার পরিচায়ক, তা নয়। সেগুলির মধ্যে কতকগুলি তেমন হলেও বাকি সবগুলিকে আমরা সাধারণত ছয় শ্রেণিতে বিভক্ত করতে পারি। এর কতকগুলি তাঁর অদ্ভুত স্মৃতির, কতকগুলি প্রবল বিচারবুদ্ধির, কতকগুলি বিশেষ নিষ্ঠা ও দৃঢ়প্রতিজ্ঞার, কতকগুলি অসীম সাহসের, কতকগুলি রঙ্গরসপ্রিয়তার এবং কতকগুলি অপার প্রেম বা করুণার পরিচায়ক। এই সব শ্রেণির সব ঘটনার মধ্যেই কিন্তু দেখতে পাই, তাঁর মনের অসাধারণ বিশ্বাস, পবিত্রতা ও নিঃস্বার্থতা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দেখা যায়, বিশ্বাস, পবিত্রতা ও স্বার্থহীনতারূপ উপাদানে তাঁর মন যেন স্বভাবত নির্মিত হয়েছে, এবং সংসারের নানা ঘাতপ্রতিঘাত তাতে স্মৃতি, বুদ্ধি, প্রতিজ্ঞা, সাহস, রঙ্গরস, প্রেম বা করুণার আকারে তরঙ্গ তুলছে। কয়েকটি দৃষ্টান্ত দিলেই পাঠক আমাদের কথার সম্যক ধারণা করতে পারবেন।
অদ্ভুত স্মৃতিশক্তির দৃষ্টান্ত
পাড়ায় রাম বা কৃষ্ণযাত্রা হয়েছে, অন্যান্য লোকের সঙ্গে বালক গদাধরও তা শুনেছে; সেই সব পবিত্র পুরাণকথা ও গান ভুলে পরদিন যে যার স্বার্থচেষ্টায় লেগে গেছে, কিন্তু বালক গদাইয়ের মনে সে সব যে ভাবতরঙ্গ তুলেছে, তার বিরাম নেই; বালক সেগুলির পুনরাবৃত্তি করে আনন্দ উপভোগের জন্য কাছের আম্রকাননে বয়স্যদের জড়ো করেছে এবং তাদের প্রত্যেককে পালার ভিন্ন ভিন্ন চরিত্রের ভূমিকা যথাসম্ভব আয়ত্ত করিয়ে এবং নিজে প্রধান চরিত্রের ভূমিকা নিয়ে পালাটির অভিনয় করতে আরম্ভ করেছে। সরল কৃষাণ পাশের জমিতে চাষ দিতে দিতে বালকদের এই খেলা দেখে মুগ্ধহৃদয়ে ভাবছে—একবারমাত্র শুনে পালাটির প্রায় সব কথা ও গান ওরা এভাবে আয়ত্ত করল কী করে?
দৃঢ়প্রতিজ্ঞার দৃষ্টান্ত
উপনয়নের সময় বালক আত্মীয়স্বজন ও সমাজপ্রচলিত প্রথার বিরুদ্ধে গিয়ে ধরে বসল—কর্মকারজাতীয়া ধনী নামের রমণীকে ভিক্ষামাতারূপে বরণ করবে![2]অথবা ধনীর স্নেহ-ভালোবাসায় মুগ্ধ হয়ে এবং তার হৃদয়ের অভিলাষ জানতে পেরে বালক সামাজিক শাসনের কথা ভুলে সেই নীচজাতীয়া রমণীর স্বহস্তে রাঁধা ব্যঞ্জন-তরকারি কেড়ে খেল! ধনী ভয় পেয়ে অনেক করে নিষেধ করলেও বালককে সে কাজ থেকে বিরত করতে পারল না।
অসীম সাহসের দৃষ্টান্ত
বিভূতিমণ্ডিত জটাধারী নাগা-ফকির দেখলে শহর বা পল্লিগ্রামের বালকদের মনে সব সময়ই ভয় জাগে। এইরকম ফকিরেরা অল্পবয়স্ক বালকদের নানাভাবে ভুলিয়ে অথবা সুযোগ পেলে জোর করে দূরদেশে নিয়ে গিয়ে দল বাড়ায়, এমন কিংবদন্তি বঙ্গের সর্বত্র প্রচলিত। কামারপুকুরের দক্ষিণপ্রান্তে ৺পুরীধামে যাওয়ার যে পথ আছে, সেই পথ দিয়ে তখন প্রতিদিন এইরকম সাধু-ফকির, বৈরাগী-বাবাজীর দল যাওয়া-আসা করত এবং গ্রামের মধ্যে ঢুকে ভিক্ষায় খাবার সংগ্রহ করে দু-একদিন বিশ্রাম নিয়ে গন্তব্যপথে এগিয়ে যেত। কিংবদন্তিতে ভয় পেয়ে বয়স্যরা দূরে পালালেও বালক গদাই ভয় পাওয়ার পাত্র ছিল না। ফকিরের দল দেখলেই সে তাদের সঙ্গে মিশে মধুর আলাপ ও সেবায় তাদের প্রসন্ন করত এবং তাদের আচার-ব্যবহার লক্ষ করার জন্য অনেকক্ষণ তাদের সঙ্গে কাটাত। কোনো কোনো দিন দেবতার উদ্দেশে নিবেদিত তাদের অন্ন খেয়েও বালক বাড়ি ফিরত এবং মায়ের কাছে সেই গল্প করত। তাদের মতো বেশ ধরার জন্য বালক একদিন সর্বাঙ্গে তিলকচিহ্ন ধারণ করে এবং মা-বাবার দেওয়া নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপীন ও বহির্বাসরূপে পরে জননীর কাছে এসেছিল।
রঙ্গরসপ্রিয়তার দৃষ্টান্ত
গ্রামের নীচ জাতিদের মধ্যে অনেকে রামায়ণ মহাভারত পাঠ করতে জানত না। সেই সব গ্রন্থ শোনার ইচ্ছা হলে পড়ে বুঝিয়ে দিতে পারে এমন কোনো ব্রাহ্মণ বা নিজেদের শ্রেণির লোককে তারা ডাকত এবং সেই ব্যক্তি এলে ভক্তিভরে পা ধোয়ার জল, নতুন হুঁকোয় তামাক এবং বসে পাঠ করার জন্য ভালো আসন বা তা না থাকলে নতুন একখানি মাদুর দিত। এভাবে সম্মানিত হয়ে সে ব্যক্তি তখন অহংকার-অভিমানে স্ফীত হয়ে শ্রোতাদের সামনে কীভাবে উচ্চাসন গ্রহণ করত এবং কত রকম বিসদৃশ অঙ্গভঙ্গি ও সুরে গ্রন্থ পাঠ করতে করতে তাদের কাছে নিজের প্রাধান্য জানিয়ে দিত, তীক্ষ্ণবিচারসম্পন্ন রঙ্গরসপ্রিয় বালক তা লক্ষ করত এবং সময়ে সময়ে অন্যদের কাছে গম্ভীরভাবে তার অভিনয় করে হাসি-কৌতুকের রোল ছুটিয়ে দিত।
ঠাকুরের মনের স্বাভাবিক গঠন
ঠাকুরের বাল্যজীবনের এই সব কথা আলোচনা করলে আমরা বুঝতে পারি, তিনি কেমন মন নিয়ে সাধনায় অগ্রসর হয়েছিলেন। বুঝতে পারি যে, এমন মন যা ধরবে তা করবেই করবে, যা শুনবে তা কখনও ভুলবে না এবং অভীষ্টলাভের পথে যা অন্তরায় বলে বুঝবে সবলহস্তে তা তৎক্ষণাৎ দূরে ছুড়ে ফেলবে। বুঝতে পারি যে, এমন হৃদয় ঈশ্বরের উপর, নিজের উপর এবং মানবসাধারণের অন্তর্নিহিত দেবপ্রকৃতির উপর দৃঢ় বিশ্বাস রেখে সংসারের সব কাজে অগ্রসর হবে, নীচ অপবিত্র ভাবসমূহ তো দূরের কথা—সংকীর্ণতার স্বল্পমাত্র গন্ধও যে-সব ভাবের মধ্যে অনুভূত হবে, কখনই সেগুলিকে উপাদেয় বলে গ্রহণ করতে পারবে না, এবং পবিত্রতা, প্রেম ও করুণাই কেবল তাকে সর্বকাল সর্ববিষয়ে নিয়ন্ত্রণ করবে। সেই সঙ্গে এ কথাও হৃদয়ঙ্গম হয় যে, নিজের বা অন্যের অন্তরের কোনো ভাবই আপন আকার লুকিয়ে রেখে ছদ্মবেশে এমন হৃদয়-মনকে কখনও প্রতারিত করতে পারবে না। ঠাকুরের অন্তর সম্বন্ধে এই কথা বিশেষভাবে মনে রেখে অগ্রসর হলে তবেই আমরা তাঁর সাধকজীবনের অলৌকিকত্ব হৃদয়ঙ্গম করতে পারব।
সাধকভাবের প্রথম প্রকাশ—‘চালকলা–বাঁধা বিদ্যা শিখব না, যাতে যথার্থ জ্ঞান হয়, সেই বিদ্যা শিখব’
ঠাকুরের জীবনে সাধকভাবের প্রথম বিশেষ বিকাশ আমরা দেখতে পাই, তিনি যখন কলিকাতায় তাঁর ভাইয়ের চতুষ্পাঠীতে ছিলেন—যেদিন বিদ্যাশিক্ষায় মনোযোগী হতে বলে অগ্রজ রামকুমার তিরস্কার ও অনুযোগ করলে তার উত্তরে তিনি স্পষ্টাক্ষরে বলেছিলেন, “চালকলা-বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না; আমি এমন বিদ্যা শিখতে চাই যাতে জ্ঞানের উদয় হয়ে মানুষ বাস্তবিক কৃতার্থ হয়!” তাঁর বয়স তখন সতেরো বছর হবে এবং গ্রাম্য পাঠশালায় তাঁর শিক্ষা অগ্রসর হওয়ার বিশেষ সম্ভাবনা নেই বুঝে অভিভাবকেরা তাঁকে কলিকাতায় এনে রেখেছেন।
কলিকাতায় ঝামাপুকুরে রামকুমারের টোলে বাসকালে ঠাকুরের আচরণ
ঝামাপুকুরে ৺দিগম্বর মিত্রের বাড়ির কাছে জ্যোতিষ এবং স্মৃতিশাস্ত্রে ব্যুৎপন্ন তাঁর স্বধর্মনিষ্ঠ অগ্রজ টোল খুলে ছাত্রদের শিক্ষা দিতেন এবং সেই মিত্র পরিবার ছাড়া পাড়ার আরও কয়েকটি বর্ধিষ্ণু ঘরে নিত্য দেবসেবার ভারও নিয়েছিলেন। নিত্যক্রিয়া শেষ করে ছাত্রদের পড়াতেই তাঁর প্রায় সমস্ত সময় কেটে যেত, সুতরাং অন্যের বাড়িতে প্রতিদিন দুই সন্ধ্যা গিয়ে দেবসেবা যথারীতি সম্পন্ন করা অল্পদিনেই তাঁর পক্ষে বিষম ভার হয়ে উঠেছিল। অথচ সহজে তিনি তা ত্যাগ করতে পারছিলেন না। কারণ, বিদায় আদায়ে টোলের যা আয় হত, তা ছিল অল্প, বাড়ছিল না, বরং দিন দিন কমছিল; এ অবস্থায় দেবসেবার পারিশ্রমিক হিসেবে যা পাচ্ছিলেন, তা ত্যাগ করলে সংসার চলবে কী করে? শেষ পর্যন্ত ছোট ভাইকে আনিয়ে তার উপর সেই দেবসেবার ভার অর্পণ করে তিনি অধ্যাপনায় মনোনিবেশ করেছিলেন।
গদাধর এখানে আসার পর থেকে নিজের মনোমতো কাজ পেয়ে তা সানন্দে শেষ করে অগ্রজের সেবা ও তাঁর কাছে কিছু কিছু পড়াশোনা করতেন। গুণসম্পন্ন প্রিয়দর্শন বালক অল্পকালেই যজমান-পরিবারের সকলের প্রিয় হয়ে উঠলেন। কামারপুকুরের মতো এখানেও সেই সব সম্ভ্রান্ত পরিবারের রমণীরা তাঁর কর্মদক্ষতা, সরল ব্যবহার, মিষ্টালাপ ও দেবভক্তি দেখে তাঁর কাছে নিঃসংকোচে আসতেন এবং আগ্রহ করে তাঁকে দিয়ে ছোটখাটো ‘ফাইফরমাশ’ করিয়ে নিতেন ও তাঁর মধুর কণ্ঠে ভজন শুনতেন। এভাবে কামারপুকুরের মতো এখানেও বালকের নিজের একটি দল বিনা চেষ্টায় গড়ে উঠেছিল এবং বালকও অবসর পেলেই সেই সব স্ত্রী-পুরুষের সঙ্গে মিলেমিশে আনন্দে দিন কাটাতেন। সুতরাং, এখানে এসেও বালকের বিদ্যাশিক্ষার যে বড় একটা সুবিধা হচ্ছিল না, এ কথা বোঝা যায়।
এসব লক্ষ করেও রামকুমার ভাইকে সহজে কিছু বলতে পারেননি। কারণ, একে তো মায়ের প্রিয় ছোট ছেলেকে তাঁর স্নেহসুখ থেকে বঞ্চিত করে একরকম নিজের সুবিধার জন্যই দূরে এনেছেন, তার উপর ভাইয়ের গুণে আকৃষ্ট হয়ে লোকে তাঁকে আগ্রহ করে বাড়িতে ডাকছে, নিমন্ত্রণ-আমন্ত্রণ করছে, এই অবস্থায় যেতে নিষেধ করে বালকের আনন্দে বিঘ্ন ঘটানো কি যুক্তিযুক্ত? তেমন করলে বালকের কলিকাতাবাস কি বনবাসতুল্য অসহ্য হয়ে উঠবে না? সংসারে অভাব না থাকলে বালককে মায়ের কাছ থেকে দূরে আনার কোনো প্রয়োজনই ছিল না; কামারপুকুরের নিকটবর্তী অন্য গ্রামে কোনো মহোপাধ্যায়ের কাছে পড়তে পাঠালেই তো চলত। বালক তা হলে মায়ের কাছে থেকেই লেখাপড়া করতে পারত। এসব চিন্তার বশবর্তী হয়ে রামকুমার কয়েক মাস কোনো কথা না বললেও শেষ পর্যন্ত কর্তব্যজ্ঞানের প্রেরণায় একদিন বালককে পাঠে মনোযোগী হতে বলে মৃদু তিরস্কার করলেন। কারণ, সরল, সর্বদা আত্মহারা বালককে পরে তো সংসারে প্রবেশ করতে হবে? যাতে নিজের সাংসারিক অবস্থার উন্নতি হয়, এমন পথে নিজেকে চালিয়ে নিতে যদি সে এখন থেকে না শেখে, তবে ভবিষ্যতে কি আর তা করতে পারবে? অতএব ভ্রাতৃবাৎসল্য এবং সংসারের অভিজ্ঞতা, দুই-ই রামকুমারকে দিয়ে সে কাজ করিয়েছিল।
নিজের ভাইয়ের মানসিক প্রকৃতি সম্বন্ধে রামকুমারের অনভিজ্ঞতা
কিন্তু স্নেহপরবশ রামকুমার সংসারের স্বার্থপর কঠোর প্রথায় ঠেকে শিখে কতকটা অভিজ্ঞতা লাভ করলেও নিজের ছোট ভাইয়ের অদ্ভুত মানসিক গঠন সম্বন্ধে বিশেষ অভিজ্ঞ ছিলেন না। বালক যে এই অল্প বয়সেই সংসারী মানুষের সবরকম চেষ্টার এবং আজীবন পরিশ্রমের কারণ ধরতে পেরেছে এবং দুই দিনের প্রতিষ্ঠা ও ভোগসুখলাভকে তুচ্ছ জ্ঞান করে মানবজীবনের অন্য উদ্দেশ্য নির্ধারণ করেছে, এ কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। সুতরাং, তিরস্কারে বিচলিত না হয়ে সরল বালক যখন তাঁকে প্রাণের কথা ওইভাবে খুলে বলল, তখন তিনি বালকের কথা হৃদয়ঙ্গম করতে পারলেন না। ভাবলেন, মা-বাবার বহু আদরের বালক জীবনে এই প্রথম তিরস্কার শুনে অভিমান বা বিরক্তিতে এমন উত্তর দিচ্ছে। সত্যনিষ্ঠ বালক তাঁকে নিজের অন্তরের কথা বোঝাতে সেদিন অনেক চেষ্টা করল, অর্থকরী বিদ্যা শিখতে তার প্রবৃত্তি হচ্ছে না, এ কথা নানাভাবে প্রকাশ করল, কিন্তু বালকের সে কথা শোনে কে? বালক তো বালক, বয়োবৃদ্ধ কাউকে যদি কোনো দিন আমরা স্বার্থচেষ্টায় পরাঙ্মুখ দেখি, তবে সিদ্ধান্ত করে বসি—তার মস্তিষ্ক বিকৃত হয়েছে।
বালকের এসব কথা রামকুমার সেদিন বুঝলেন না। অধিকন্তু ভালোবাসার পাত্রকে তিরস্কার করে পরক্ষণে আমরা যেমন অনুতপ্ত হই এবং তাকে আগের চেয়ে শতগুণে আদরযত্ন করে নিজে শান্তিলাভের চেষ্টা করি, এখন কিছুকাল ছোট ভাইয়ের সঙ্গে তাঁর ব্যবহার প্রতিটি কাজে তেমনই হয়ে উঠল। বালক গদাধর কিন্তু নিজের মনোগত অভিপ্রায় সফল করার জন্য এই সময় থেকে যে সুযোগ খুঁজছিলেন, তার পরিচয় আমরা পর পর তাঁর কাজগুলি দেখে বিশেষভাবে পাই।
রামকুমারের সাংসারিক অবস্থা
সেই ঘটনার পরের দুই বছরে ঠাকুর এবং তাঁর অগ্রজের জীবনে পরিবর্তনের প্রবাহ কিছুটা প্রবল বেগে বয়ে চলেছিল। অগ্রজের আর্থিক অবস্থা দিন দিন পড়ে যাচ্ছিল এবং নানাভাবে চেষ্টা করলেও তিনি কিছুতেই তার উন্নতি করতে পারছিলেন না। টোল বন্ধ করে অন্য কোনো কাজ নেবেন কি না, তা নিয়ে নানা তোলাপাড়াও তাঁর মনের মধ্যে চলছিল। কিন্তু কিছুই ঠিক করে উঠতে পারছিলেন না। তবে এ কথা মনে মনে বেশ বুঝতে পারছিলেন যে, সংসারযাত্রা চালানোর অন্য উপায় শীঘ্র গ্রহণ না করে এভাবে দিন কাটালে শেষ পর্যন্ত ঋণগ্রস্ত হবেন এবং নানা অনর্থ দেখা দেবে। কিন্তু কী উপায় অবলম্বন করবেন? যজন, যাজন ও অধ্যাপন ছাড়া অন্য কোনো কাজই তো শেখেননি, এবং চেষ্টা করে এখন যে সময়োপযোগী কোনো অর্থকরী বিদ্যা শিখবেন, সে উদ্যম-উৎসাহই বা প্রাণে কোথায়? আবার, তেমন শিক্ষালাভ করে অর্থোপার্জনের পথে এগোলে নিজের নিত্যক্রিয়া ও পূজাদি সম্পন্ন করার অবসর পাওয়া যে কঠিন হবে, এও নিশ্চিত। সামান্যে সন্তুষ্ট সাধুপ্রকৃতি রামকুমার বৈষয়িক ব্যাপারে বিশেষ উদ্যমী পুরুষ ছিলেন না। সুতরাং ‘যা করেন ৺রঘুবীর’ ভেবে সেই চিন্তা থেকে মন ফিরিয়ে যা এতকাল করে এসেছিলেন, তা-ই ভগ্নহৃদয়ে করে যাচ্ছিলেন। সে যা হোক, এই অনিশ্চয়তার মধ্যে একটি ঘটনা ঈশ্বরেচ্ছায় রামকুমারকে পথ দেখিয়ে শীঘ্রই নিশ্চিন্ত করেছিল।
[1] ‘গুরুভাব’– পূর্বার্ধ, ৪র্থ অধ্যায়,
[2] ‘গুরুভাব’ – পূর্বার্ধ, ৪র্থ অধ্যায়,
রামকুমারের কলিকাতায় টোল খোলার কারণ ও সময়নিরূপণ
সন ১২৫৬ সালে রামকুমার যখন কলিকাতায় চতুষ্পাঠী খুলেছিলেন, তখন তাঁর বয়স ছিল সম্ভবত ৪৫ বছর। সংসারের অভাব অনটন সেই সময়ের কিছু আগে থেকে তাঁকে চিন্তিত করেছিল এবং তখন তাঁর পত্নী একমাত্র পুত্র অক্ষয়কে প্রসব করার পর মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। কথিত আছে, সাধক রামকুমার তাঁর পত্নীর মৃত্যুর কথা আগে থেকে জানতে পেরেছিলেন এবং পরিবারের কাউকে কাউকে বলেছিলেন, “ও (তাঁর পত্নী) এবার আর বাঁচবে না।” ঠাকুর তখন চোদ্দো বছরে পা দিয়েছেন। সমৃদ্ধিশালী কলিকাতায় নানা ধনী ও মধ্যবিত্ত শ্রেণির লোকের বাস; শান্তিস্বস্ত্যয়নাদি ক্রিয়াকলাপে, বিবিধ ব্যবস্থাপত্র দিয়ে এবং টোলের ছাত্রদের বিদ্যায় পারদর্শী করে সেখানে সুপণ্ডিত বলে একবার খ্যাতি লাভ করতে পারলে সংসারের আয়ব্যয়ের জন্য তাঁকে আর চিন্তান্বিত হতে হবে না—বোধ হয় এরকম একটা কিছু ভেবে রামকুমার কলিকাতায় এসেছিলেন। পত্নী-বিয়োগে তিনি জীবনে যে বিশেষ পরিবর্তন ও অভাব অনুভব করছিলেন, দূরদেশে নানা কাজে ব্যাপৃত থাকলে তার হাত থেকে কিছুটা মুক্তি পাবেন, এই ধারণাও তাঁকে সে কাজে প্রবৃত্ত করেছিল। যা হোক, ঝামাপুকুরের চতুষ্পাঠী প্রতিষ্ঠিত হওয়ার আন্দাজ তিন-চার বছর পরে তিনি ঠাকুরকে যেজন্য কলিকাতায় এনেছিলেন এবং ১২৫৯ সালে কলিকাতায় এসে ঠাকুর যেভাবে তিন বছর কাটিয়েছিলেন, তা আমরা ইতিপূর্বে পাঠককে বলেছি। ঠাকুরের জীবনের ঘটনাবলি জানতে হলে অতঃপর আমাদের অন্যত্র দৃষ্টি ফেরাতে হবে। বিদায় আদায়ের সুবিধার জন্য ছাতুবাবুর দলভুক্ত হয়ে তাঁর অগ্রজ যখন নিজের চতুষ্পাঠীর শ্রীবৃদ্ধির জন্য যত্নপর ছিলেন, তখন কলিকাতার অন্যত্র এক জায়গায় এক সুবিখ্যাত পরিবারে ঈশ্বরেচ্ছায় যে ঘটনাপরম্পরা গড়ে উঠছিল, তাতেই এখন পাঠককে মনোনিবেশ করতে হবে।
রাণী রাসমণি
কলিকাতার দক্ষিণাংশে জানবাজার নামের পাড়ায় প্রথিতকীর্তি রাণী রাসমণির বাস ছিল। ক্রমশ চারটি কন্যার মা হয়ে রাণী চুয়াল্লিশ বছর বয়সে বিধবা হয়েছিলেন; এবং তখন থেকে স্বামী ৺রাজচন্দ্র দাসের প্রভূত সম্পত্তির তত্ত্বাবধান নিজের হাতে নিয়ে তার সমধিক শ্রীবৃদ্ধি ঘটিয়ে তিনি অল্প সময়ের মধ্যেই কলিকাতাবাসীদের কাছে সুপরিচিত হয়ে উঠেছিলেন। কেবলমাত্র বিষয়কর্ম পরিচালনায় দক্ষতা দেখিয়েই তিনি যশস্বিনী হননি, তাঁর ঈশ্বরবিশ্বাস, ওজস্বিতা[1] এবং দরিদ্রদের প্রতি নিরন্তর সহানুভূতি,[2] তাঁর অজস্র দান, অকাতর অন্নব্যয় প্রভৃতি কাজও তাঁকে সকলের বিশেষ প্রিয় করে তুলেছিল। বাস্তবিক নিজ গুণ ও কর্মে এই রমণী তখন তাঁর ‘রাণী’ নাম সার্থক করতে এবং ব্রাহ্মণ-ব্রাহ্মণেতর নির্বিশেষে সকল জাতির হৃদয়ের শ্রদ্ধা ও ভক্তি সর্বপ্রকারে আকর্ষণ করতে পেরেছিলেন। আমরা যে সময়ের কথা বলছি, তখন রাণীর কন্যাদের বিবাহ ও সন্তানসন্ততি হয়েছে; এবং একটিমাত্র পুত্র রেখে রাণীর তৃতীয় কন্যার মৃত্যু হওয়ায় প্রিয়দর্শন তৃতীয় জামাতা শ্রীযুক্ত মথুরামোহন বা মথুরানাথ বিশ্বাস এই ঘটনায় পর হয়ে যাবেন ভেবে রাণী সেই জামাতারই সঙ্গে নিজের চতুর্থ কন্যা শ্রীমতী জগদম্বা দাসীর বিবাহ দিয়ে তাঁর ছিন্নহৃদয় আবার স্নেহপাশে আবদ্ধ করেছেন। রাণীর সেই চার কন্যার সন্তানসন্ততিরা এখনও বর্তমান।
পাঠকের অবগতির জন্য রাণী রাসমণির বংশতালিকা ‘শ্রীদক্ষিণেশ্বর’ নামের পুস্তিকা থেকে এখানে উদ্ধৃত করছি –
রানীর দেবীভক্তি
অশেষগুণশালিনী রাণী রাসমণির শ্রীশ্রীকালিকার শ্রীপাদপদ্মে চিরকাল বিশেষ ভক্তি ছিল। জমিদারি সেরেস্তার কাগজপত্রে নামাঙ্কিত করার জন্য তিনি যে শিলমোহর তৈরি করিয়েছিলেন, তাতে খোদাই করা ছিল—‘কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী’। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, তেজস্বিনী রাণীর দেবীভক্তি এভাবে সব বিষয়ে প্রকাশ পেত।
রাণী রাসমণির ৺কাশী যাওয়ার উদ্যোগকালে প্রত্যাদেশলাভ
৺কাশীধামে গিয়ে শ্রীশ্রীবিশ্বেশ্বর ও অন্নপূর্ণামাতাকে দর্শন ও বিশেষভাবে পূজা করার বাসনা রাণীর হৃদয়ে বহুকাল থেকে বলবতী ছিল। শোনা যায়, প্রভূত অর্থ তিনি সেজন্য সঞ্চয় করে রেখেছিলেন; কিন্তু স্বামীর সহসা মৃত্যুতে সমগ্র বিষয়সম্পত্তির তত্ত্বাবধান নিজের কাঁধে এসে পড়েছিল বলে এতদিন সে বাসনা পূর্ণ করতে পারেননি। এখন জামাতারা, বিশেষত তাঁর কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত মথুরামোহন তাঁকে বিষয়কর্মে সহায়তা করতে শিখে তাঁর দক্ষিণহস্তস্বরূপ হয়ে ওঠায় রাণী ১২৫৫ সালে কাশী যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। সব কিছু স্থির হলে যাত্রা করার ঠিক আগের রাতে তিনি স্বপ্নে ৺দেবীর দর্শন ও প্রত্যাদেশ পেলেন—কাশী যাওয়ার আবশ্যক নেই, ভাগীরথীতীরে মনোরম স্থানে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা ও ভোগের ব্যবস্থা করো, আমি সেই মূর্তিকে আশ্রয় করে আবির্ভূতা হয়ে তোমার কাছ থেকে নিত্য পূজা গ্রহণ করব।[3] ভক্তিপরায়ণা রাণী এই আদেশ পেয়ে বিশেষ পরিতৃপ্ত হলেন এবং কাশীযাত্রা স্থগিত রেখে সঞ্চিত ধনরাশি সেই কাজে লাগানোর সংকল্প করলেন।
রাণীর দেবীমন্দির নির্মাণ
এভাবে শ্রীশ্রীজগদম্বার প্রতি রাণীর বহুকালসঞ্চিত ভক্তি এই সময়ে সাকার মূর্তি পরিগ্রহ করতে উন্মুখ হয়ে উঠেছিল এবং ভাগীরথীতীরে বিস্তীর্ণ ভূখণ্ড[4] কিনে তিনি বহু অর্থব্যয়ে তার উপর নবরত্ন-পরিশোভিত সুবৃহৎ মন্দির, দেবারাম ও সংলগ্ন উদ্যান নির্মাণ করতে আরম্ভ করেছিলেন। এই সময়ে শুরু হলেও সেই দেবালয় ১২৬২ সালেও সম্পূর্ণ গড়ে ওঠেনি দেখে রাণী ভেবেছিলেন, জীবন অনিশ্চিত, মন্দিরনির্মাণে বহুকাল ব্যয় করলে শ্রীশ্রীজগদম্বাকে প্রতিষ্ঠা করার সংকল্প হয়তো নিজের জীবনকালে কাজে পরিণত হবে না। মনে মনে এইরকম আলোচনা করে সন ১২৬২ সালের ১৮ই জ্যৈষ্ঠ তারিখে স্নানযাত্রার দিনে রাণী শ্রীশ্রীজগদম্বার প্রতিষ্ঠাকার্য সম্পন্ন করেছিলেন। তার আগের কয়েকটি কথা পাঠকের জানা আবশ্যক।
রাণীর ৺দেবীকে অন্নভোগ দেওয়ার বাসনা
প্রত্যাদেশ পেয়েই হোক বা হৃদয়ের স্বাভাবিক উচ্ছ্বাসেই হোক—কারণ, ভক্তেরা নিজ নিজ ইষ্টদেবতাকে সর্বদা আত্মবৎ সেবা করতে ভালোবাসেন—শ্রীশ্রীজগদম্বাকে অন্নভোগ দেওয়ার জন্য রাণীর প্রাণ ব্যাকুল হয়ে উঠেছিল। রাণী ভেবেছিলেন—মন্দিরাদি মনের মতো নির্মিত হয়েছে, সেবা চলার জন্য সম্পত্তিও যথেষ্ট দিচ্ছি, কিন্তু এতটা করেও যদি শ্রীশ্রীজগদম্বাকে প্রাণ যেমন চায়, নিত্য অন্নভোগ দিতে না পারি তবে সবই বৃথা। লোকে বলবে, রাণী রাসমণি এত বড় কীর্তি রেখে গেছেন, কিন্তু লোকের ওরকম কথায় কী আসে যায়? হে জগদম্বে, অন্তঃসারহীন নামযশমাত্র দিয়ে আমাকে এ বিষয়ে ফিরিয়ো না। তুমি এখানে নিত্য প্রকাশিত থাকো এবং কৃপা করে দাসীর প্রাণের কামনা পূর্ণ করো।
পণ্ডিতদের ব্যবস্থাগ্রহণে সেই বাসনাপূরণের অন্তরায়
রাণী দেখলেন, দেবীকে অন্নভোগ দেওয়ার পথে প্রধান অন্তরায় তাঁর জাতি ও সামাজিক প্রথা। নইলে তাঁর প্রাণ তো একবারও বলে না যে, অন্নভোগ দিলে জগন্মাতা তা গ্রহণ করবেন না—হৃদয় তো সেই চিন্তায় উৎফুল্লই হয়, কখনও সংকুচিত হয় না! তবে এই বিপরীত প্রথার প্রচলন হয়েছে কেন? শাস্ত্রকার কি প্রাণহীন ব্যক্তি ছিলেন? অথবা, স্বার্থপ্রেরিত হয়ে ঈশ্বরীর কাছেও উচ্চবর্ণের উচ্চাধিকারের ব্যবস্থা করে গেছেন? প্রাণের পবিত্রাকাঙ্ক্ষা অনুসরণ করে প্রচলিত প্রথার বিরুদ্ধে কাজ করলেও ভক্ত ব্রাহ্মণ সজ্জনেরা দেবালয়ে এসে প্রসাদ গ্রহণ করবেন না—তবে উপায়? তিনি অন্নভোগ দেওয়ার জন্য নানা স্থান থেকে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ব্যবস্থা আনাতে লাগলেন, কিন্তু তাঁদের কেউই তাঁকে এ কাজে উৎসাহ দিলেন না।
রামকুমারের ব্যবস্থাদান
মন্দিরনির্মাণ ও মূর্তিগঠন এভাবে সম্পূর্ণ হলেও রাণীর সেই সংকল্প পূর্ণ হওয়ার কোনো উপায় দেখা গেল না। পণ্ডিতদের কাছে বারংবার প্রত্যাখ্যাত হওয়ায় সে বিষয়ে তাঁর আশা যখন প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, তখন ঝামাপুকুরের চতুষ্পাঠী থেকে একদিন ব্যবস্থা এল—প্রতিষ্ঠার আগে রাণী যদি ওই সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবীপ্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করেন, তা হলে শাস্ত্রনিয়ম যথাযথ রক্ষিত হবে এবং ব্রাহ্মণাদি উচ্চবর্ণ সেই দেবালয়ে প্রসাদ গ্রহণ করলেও দোষভাগী হবেন না।
মন্দিরোৎসর্গ সম্বন্ধে রাণীর সংকল্প
এই ব্যবস্থা পেয়ে রাণীর হৃদয়ে আশা আবার মুকুলিত হয়ে উঠল। তিনি নিজের গুরুর নামে দেবালয় প্রতিষ্ঠা করে তাঁর অনুমতিক্রমে সেই দেবসেবার তত্ত্বাবধায়ক কর্মচারীর পদ নিয়ে থাকার সংকল্প করলেন। রামকুমার ভট্টাচার্যের ব্যবস্থা অনুযায়ী কাজ করতে তাঁকে দৃঢ়সংকল্প জেনে অন্যান্য পণ্ডিতেরা ‘কাজটি সামাজিক প্রথার বিরুদ্ধ’, ‘এমন করলেও ব্রাহ্মণ সজ্জনেরা সেখানে প্রসাদাদি গ্রহণ করবেন না’ ইত্যাদি নানা কথা পরোক্ষে বললেও তা যে শাস্ত্রবিরুদ্ধ আচরণ হবে, এ কথা বলতে সাহস করলেন না।
রামকুমারের উদারতা
ভট্টাচার্য রামকুমারের প্রতি রাণীর দৃষ্টি যে এই ঘটনায় বিশেষভাবে আকৃষ্ট হয়েছিল, এ কথা আমরা বেশ অনুমান করতে পারি। ভেবে দেখলে তখনকার কালে রামকুমারের এমন ব্যবস্থাদান সামান্য উদারতার পরিচায়ক বলে বোধ হয় না। সমাজের নেতা ব্রাহ্মণপণ্ডিতদের মন তখন সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল, তার বাইরে গিয়ে শাস্ত্রশাসনের ভিতর একটা উদার ভাব দেখতে এবং অবস্থা অনুযায়ী ব্যবস্থা দিতে তাঁদের মধ্যে অল্প কয়েকজনই পারতেন; ফলে অনেক ক্ষেত্রে তাঁদের ব্যবস্থা লঙ্ঘন করার প্রবৃত্তি লোকের মনে জাগত।
রাণী রাসমণির উপযুক্ত পূজকের অন্বেষণ
সে যা হোক, রামকুমারের সঙ্গে রাণীর সম্বন্ধ সেখানেই শেষ হল না। বুদ্ধিমতী রাণী নিজের গুরুবংশীয়দের যথাযথ সম্মান দিলেও তাঁদের শাস্ত্রজ্ঞানের অভাব এবং শাস্ত্রমতে দেবসেবা সম্পন্ন করার সম্পূর্ণ অযোগ্যতা বিশেষভাবে লক্ষ করেছিলেন। সেজন্য তাঁদের ন্যায্য বিদায় আদায় অক্ষুণ্ণ রেখে নতুন দেবালয়ের কার্যভার যাতে শাস্ত্রজ্ঞ সদাচারী ব্রাহ্মণদের হাতে অর্পিত হয়, তার বন্দোবস্তে মনোনিবেশ করলেন। এখানেও আবার প্রচলিত সামাজিক প্রথা তাঁর বিরুদ্ধে দাঁড়াল। শূদ্র-প্রতিষ্ঠিত দেবদেবীর পূজা করা তো দূরের কথা, সদ্বংশজাত ব্রাহ্মণেরা সেই সময়ে প্রণাম পর্যন্ত করে সেসব মূর্তির মর্যাদা রক্ষা করতেন না এবং রাণীর গুরুবংশীয়দের মতো ব্রহ্মবন্ধুদের তাঁরা শূদ্রের মধ্যেই গণ্য করতেন। সুতরাং যজন-যাজনে সক্ষম সদাচারী কোনো ব্রাহ্মণই রাণীর দেবালয়ে পূজকপদে ব্রতী হতে সহজে রাজি হলেন না। তাতেও কিন্তু হতাশ না হয়ে রাণী বেতন ও পারিতোষিকের হার বাড়িয়ে পূজকের জন্য নানা জায়গায় সন্ধান করতে লাগলেন।
রাণীর কর্মচারী সিহড় গ্রামের মহেশচন্দ্র চট্টোপাধ্যায়ের পূজক দেওয়ার ভারগ্রহণ
ঠাকুরের ভগিনী শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর বাড়ি কামারপুকুরের অনতিদূরে সিহড় নামের গ্রামে ছিল। সেখানে অনেক ব্রাহ্মণের বসতি। মহেশচন্দ্র চট্টোপাধ্যায়[5] নামে সেই গ্রামের এক ব্যক্তি তখন রাণীর সরকারে কাজ করতেন। দুপয়সা লাভ হতে পারে ভেবে ইনিই এখন রাণীর দেবালয়ের জন্য পূজক, পাচক প্রভৃতি সবরকম ব্রাহ্মণ কর্মচারী জোগাড় করে দেওয়ার ভার নিতে এগিয়ে এলেন। রাণীর দেবালয়ে চাকরি নেওয়াটা দূষণীয় নয়, এ কথা গ্রামের দরিদ্র ব্রাহ্মণদের বোঝাবার জন্য মহেশ সেই বন্দোবস্তের ভার নিয়ে সবার আগে নিজের অগ্রজ ক্ষেত্রনাথকে শ্রীশ্রীরাধাগোবিন্দজীর পূজকপদে মনোনীত করলেন। এভাবে নিজের পরিবারের এক ব্যক্তিকে রাণীর কাজে নিযুক্ত করার ফলে অন্যান্য ব্রাহ্মণ কর্মচারী জোগাড় করা তাঁর পক্ষে অনেকটা সহজ হয়েছিল। কিন্তু নানাভাবে চেষ্টা করেও তিনি শ্রীশ্রীকালিকাদেবীর মন্দিরের জন্য সুযোগ্য পূজক জোগাড় করতে না পেরে বিশেষ চিন্তিত হলেন।
রাণীর রামকুমারকে পূজকের পদগ্রহণে অনুরোধ
রামকুমার ভট্টাচার্যের সঙ্গে মহেশ আগে থেকেই পরিচিত ছিলেন। গ্রামসম্পর্কে তাঁদের দুজনের মধ্যে একটা সুবাদও পাতানো ছিল বলে বোধ হয়। রামকুমার যে একজন ভক্তিমান সাধক এবং স্বেচ্ছায় শক্তিমন্ত্রে দীক্ষিত হয়েছেন, এ কথা মহেশের অজানা ছিল না। তাঁর সাংসারিক অভাব অনটনের কথাও মহেশ কিছু কিছু জানতেন। সেজন্য শ্রীশ্রীকালিকামাতার পূজক নির্বাচন করতে গিয়ে তাঁর দৃষ্টি এখন রামকুমারের দিকে গেল। কিন্তু পরক্ষণেই তাঁর মনে হল—অশূদ্রযাজী রামকুমার কলিকাতায় এসে ৺দিগম্বর মিত্র প্রভৃতি দু-একজনের বাড়িতে পূজকের পদ কখনও কখনও গ্রহণ করলেও কৈবর্তজাতীয়া রাণীর দেবালয়ে কি তেমন করতে রাজি হবেন? —বিশেষ সন্দেহ! যা হোক, ৺দেবীপ্রতিষ্ঠার দিন কাছে এসে গেছে, সুযোগ্য লোকও পাওয়া যাচ্ছে না, অতএব সব দিক ভেবে মহেশ একবার সেই চেষ্টা করে দেখা যুক্তিযুক্ত মনে করলেন। কিন্তু নিজে সে বিষয়ে সহসা না এগিয়ে রাণীকে সব কথা বলে, অন্তত প্রতিষ্ঠার দিনে রামকুমার যাতে পূজকের পদ গ্রহণ করে সব কাজ সুসম্পন্ন করেন, সেজন্য অনুরোধ ও নিমন্ত্রণ করে পাঠাতে বললেন। রামকুমারের কাছ থেকে ওই ব্যবস্থাপত্র পেয়ে রাণী তাঁর যোগ্যতা সম্বন্ধে আগেই উচ্চ ধারণা করেছিলেন, সুতরাং তাঁর পূজকপদে ব্রতী হওয়ার সম্ভাবনা দেখে তিনি এখন বিশেষ আনন্দিত হলেন এবং অতি দীনভাবে তাঁকে বলে পাঠালেন, “শ্রীশ্রীজগন্মাতাকে প্রতিষ্ঠা করতে আপনার ব্যবস্থার বলেই আমি অগ্রসর হয়েছি এবং আগামী স্নানযাত্রার দিনে শুভমুহূর্তে সেই কাজ সম্পন্ন করার জন্য সমুদয় আয়োজনও করেছি। শ্রীশ্রীরাধাগোবিন্দজীর জন্য পূজক পাওয়া গেছে, কিন্তু কোনো সুযোগ্য ব্রাহ্মণই শ্রীশ্রীকালীমাতার পূজকপদ গ্রহণ করতে সম্মত হয়ে আমাকে প্রতিষ্ঠাকার্যে সহায়তা করতে অগ্রসর হচ্ছেন না। অতএব আপনিই এ বিষয়ে যা হয় একটা শীঘ্র ব্যবস্থা করে আমাকে এ বিপদ থেকে উদ্ধার করুন। আপনি সুপণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ, অতএব ওই পূজকের পদে যাকে তাকে নিযুক্ত করা চলে না, এ কথা বলা বাহুল্য।”
রাণীর এই অনুরোধপত্র নিয়ে মহেশ স্বয়ং রামকুমারের কাছে গেলেন এবং তাঁকে নানাভাবে বুঝিয়ে সুযোগ্য পূজক না পাওয়া পর্যন্ত পূজকের আসন গ্রহণ করতে রাজি করালেন। এভাবে লোভপরিশূন্য ভক্তিমান রামকুমার নির্দিষ্ট দিনে শ্রীশ্রীজগদম্বার প্রতিষ্ঠা বন্ধ হওয়ার আশঙ্কাতেই প্রথম দক্ষিণেশ্বরে[6] আসেন এবং পরে রাণী ও মথুরবাবুর অনুনয়-বিনয়ে সুযোগ্য পূজকের অভাব দেখে সেখানে আজীবন থেকে যান। শ্রীশ্রীজগদম্বার ইচ্ছাতেই সংসারে ছোট বড় সকল কাজ সম্পন্ন হয়; দেবীভক্ত রামকুমার এ বিষয়ে ইচ্ছাময়ীর ইচ্ছা জানতে পেরে ওই কাজে ব্রতী হয়েছিলেন কি না কে বলতে পারে।
রাণীর ৺দেবীপ্রতিষ্ঠা
সে যা হোক, এমন অভাবিত উপায়ে রামকুমারকে পূজকরূপে পেয়ে রাণী রাসমণি সন ১২৬২ সালের ১৮ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, স্নানযাত্রার দিনে মহাসমারোহে শ্রীশ্রীজগদম্বাকে নবমন্দিরে প্রতিষ্ঠিত করলেন! শোনা যায়, ‘দীয়তাং ভূজ্যতাং’ শব্দে সেদিন সেই স্থান দিনরাত সমানভাবে কোলাহলপূর্ণ হয়ে উঠেছিল এবং রাণী অকাতরে অজস্র অর্থব্যয় করে অতিথি অভ্যাগত সকলকে নিজের মতো আনন্দিত করে তুলতে চেষ্টার ত্রুটি করেননি। সুদূর কান্যকুব্জ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা এবং নবদ্বীপ প্রভৃতি পণ্ডিতপ্রধান স্থান থেকে বহু অধ্যাপক ব্রাহ্মণ পণ্ডিত সেই উপলক্ষ্যে সমাগত হয়ে সেদিন প্রত্যেকে রেশমি বস্ত্র, উত্তরীয় এবং বিদায়স্বরূপ এক একটি স্বর্ণমুদ্রা পেয়েছিলেন। শোনা যায়, দেবালয়নির্মাণ ও প্রতিষ্ঠা উপলক্ষ্যে রাণী নয় লক্ষ টাকা ব্যয় করেছিলেন এবং ২,২৬,০০০ টাকার বিনিময়ে ত্রৈলোক্যনাথ ঠাকুরের কাছ থেকে দিনাজপুর জেলার ঠাকুরগাঁ মহকুমার অন্তর্গত শালবাড়ী পরগণা কিনে দেবসেবার জন্য দানপত্র লিখে দিয়েছিলেন।
প্রতিষ্ঠার দিনে ঠাকুরের আচরণ
কেউ কেউ বলেন, ভট্টাচার্য রামকুমার সেদিন সিধা নিয়ে গঙ্গাতীরে রান্না করেছিলেন এবং নিজের অভীষ্টদেবীকে নিবেদন করে প্রসাদ পেয়েছিলেন। কিন্তু আমাদের সে কথা সম্ভবপর বলে বোধ হয় না। কারণ, দেবীভক্ত রামকুমার স্বয়ং ব্যবস্থা দিয়ে দেবীর অন্নভোগের বন্দোবস্ত করিয়েছিলেন। তিনিই এখন সেই নিবেদিত অন্ন গ্রহণ না করে নিজের বিধানের এবং ভক্তিশাস্ত্রের বিরুদ্ধে কাজ করবেন, এ কথা নিতান্তই অযুক্তিকর। ঠাকুরের মুখেও আমরা এইরকম কথা শুনিনি। অতএব আমাদের ধারণা, তিনি পূজার পর হৃষ্টচিত্তে শ্রীশ্রীজগদম্বার প্রসাদী নৈবেদ্যান্নই গ্রহণ করেছিলেন। ঠাকুর কিন্তু সেই আনন্দোৎসবে মনপ্রাণ দিয়ে যোগ দিলেও খাওয়ার বিষয়ে নিজের নিষ্ঠা রক্ষা করে সন্ধ্যা হলে নিকটবর্তী বাজার থেকে এক পয়সার মুড়ি-মুড়কি কিনে খেয়েছিলেন এবং হেঁটে ঝামাপুকুরের চতুষ্পাঠীতে এসে সে রাত বিশ্রাম করেছিলেন।
কালীবাড়ির প্রতিষ্ঠা সম্বন্ধে ঠাকুরের কথা
রাণী রাসমণির দক্ষিণেশ্বরে কালীবাড়ি প্রতিষ্ঠা করা সম্বন্ধে ঠাকুর স্বয়ং আমাদের অনেক সময়ে অনেক কথা বলতেন। বলতেন—রাণী কাশীধামে যাওয়ার জন্য সমস্ত আয়োজন করেছিলেন; যাত্রার দিন স্থির করে প্রায় একশোখানা ছোট ও বড় নৌকা বিবিধ দ্রব্যসম্ভারে পূর্ণ করে ঘাটে বাঁধিয়ে রেখেছিলেন, যাত্রা করার ঠিক আগের রাতে স্বপ্নে ৺দেবীর কাছ থেকে প্রত্যাদেশ পেয়েই সেই সংকল্প ত্যাগ করেন এবং ঠাকুরবাড়ি প্রতিষ্ঠার জন্য যথাযোগ্য স্থানের খোঁজ করতে শুরু করেন।
বলতেন— রাণী প্রথমে ‘গঙ্গার পশ্চিমকূল, বারাণসী সমতুল’—এই ধারণার বশে ভাগীরথীর পশ্চিমকূলে বালী, উত্তরপাড়া প্রভৃতি গ্রামে স্থান খুঁজে বিফলমনোরথ হন।[7] কারণ, রাণী প্রভূত অর্থ দিতে রাজি হলেও ‘দশ আনি’ ‘ছয় আনি’ খ্যাত ওই স্থানের প্রসিদ্ধ ভূম্যধিকারীরা বলেছিলেন, তাঁদের অধিকৃত স্থানের কোথাও অন্যের ব্যয়ে নির্মিত ঘাট দিয়ে তাঁরা গঙ্গায় নামবেন না। রাণী বাধ্য হয়ে শেষ পর্যন্ত ভাগীরথীর পূর্বকূলে এই স্থানটি কেনেন।
বলতেন— রাণী দক্ষিণেশ্বরে যে স্থানটি মনোনীত করলেন, তার কিছু অংশ এক সাহেবের ছিল এবং অপর অংশে মুসলমানদের কবরডাঙা ও গাজিসাহেবের পীরের স্থান ছিল; স্থানটির আকার ছিল কূর্মপৃষ্ঠের মতো; এইরকম কূর্মপৃষ্ঠাকৃতি শ্মশানই শক্তিপ্রতিষ্ঠা ও সাধনার জন্য বিশেষ প্রশস্ত বলে তন্ত্রনির্দিষ্ট; অতএব দৈবাধীন হয়েই রাণী যেন ওই স্থানটি মনোনীত করেন।
আবার শক্তিপ্রতিষ্ঠার জন্য শাস্ত্রনির্দিষ্ট অন্যান্য প্রশস্ত দিনে মন্দিরপ্রতিষ্ঠা না করে স্নানযাত্রার দিনে বিষ্ণু-পর্বাহে রাণী শ্রীশ্রীজগদম্বার প্রতিষ্ঠা কেন করেছিলেন, সে কথা তুলে ঠাকুর কখনও কখনও আমাদের বলতেন—দেবীমূর্তি নির্মাণ আরম্ভ হওয়ার দিন থেকে রাণী যথাশাস্ত্র কঠোর তপস্যার অনুষ্ঠান করেছিলেন; ত্রিসন্ধ্যা স্নান, হবিষ্যান্ন-ভোজন, মাটিতে শয়ন ও যথাশক্তি জপ পূজাদি করতেন; মন্দির ও দেবীমূর্তি নির্মিত হলে প্রতিষ্ঠার জন্য ধীরে সুস্থে শুভদিন নির্ধারণ করা হচ্ছিল এবং মূর্তিটি ভেঙে যাওয়ার আশঙ্কায় বাক্সবন্দি করে রাখা হয়েছিল; এমন সময় যে-কোনো কারণেই হোক, সেই মূর্তি ঘেমে ওঠে এবং রাণীকে স্বপ্নে প্রত্যাদেশ হয়—‘আমাকে আর কতদিন এইভাবে আটকে রাখবি? আমার যে বড় কষ্ট হচ্ছে; যত তাড়াতাড়ি পারিস আমাকে প্রতিষ্ঠা কর।’ এই প্রত্যাদেশ পেয়েই রাণী দেবী-প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়ে দিন দেখাতে থাকেন এবং স্নানযাত্রার পূর্ণিমার আগে অন্য কোনো প্রশস্ত দিন না পেয়ে সেই দিনে ওই কাজ সম্পন্ন করার সংকল্প করেন।
তা ছাড়া দেবীকে অন্নভোগ দিতে পারবেন বলে রাণীর নিজের গুরুর নামে সেই ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করা প্রভৃতি যে-সব কথা আগে বলা হয়েছে, সবই আমরা ঠাকুরের কাছে শুনেছিলাম। কেবল ঠাকুরবাড়ি প্রতিষ্ঠার জন্য রামকুমার রাণীকে যে ব্যবস্থা দিয়েছিলেন এবং ঠাকুরকে বোঝাবার জন্য রামকুমার যে ধর্মপত্রের অনুষ্ঠান করেছিলেন, এই কথা দুটি আমরা ঠাকুরের ভাগনে শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের কাছে শুনেছি।
দক্ষিণেশ্বর কালীমন্দিরে চিরকালের জন্য পূজকের পদ গ্রহণ করা যে ভট্টাচার্য রামকুমারের প্রথমে অভীপ্সিত ছিল না, তা আমরা ঠাকুরের এই সময়ের ব্যবহারে বুঝতে পারি। সে কথা অনুধাবন করলে মনে হয়, সরল রামকুমার তখনও ব্যাপারটি বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন, ৺দেবীকে অন্নভোগ প্রদানের বিধান দিয়ে এবং প্রতিষ্ঠার দিনে স্বয়ং সেই কাজ সম্পন্ন করার পর তিনি আবার ঝামাপুকুরে ফিরবেন। সেদিন দেবীকে অন্নভোগ নিবেদন করতে বসে তিনি যে কিছুমাত্র কুণ্ঠিত হননি বা কোনো অন্যায়, অশাস্ত্রীয় কাজ করছেন এমন মনে করেননি, তা ছোট ভাইয়ের সঙ্গে তাঁর এই সময়ের ব্যবহারে বোঝা যায়।
প্রতিষ্ঠার পরদিন ভোরে ঠাকুর অগ্রজের সংবাদ নেওয়ার জন্য এবং প্রতিষ্ঠাসংক্রান্ত যে-সব কাজ বাকি ছিল, তা দেখার কৌতূহলে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন এবং কিছুক্ষণ সেখানে থেকে বুঝলেন, অগ্রজের সেদিন ঝামাপুকুরে ফেরার কোনো সম্ভাবনা নেই। সুতরাং অগ্রজ সেদিন সেখানে থাকতে অনুরোধ করলেও তাঁর কথা না শুনে তিনি খাওয়ার সময় আবার ঝামাপুকুরে ফিরে এলেন। এরপর ঠাকুর পাঁচ-সাত দিন আর দক্ষিণেশ্বরে যাননি। দক্ষিণেশ্বরের কাজ শেষ করে অগ্রজ যথাসময়ে ঝামাপুকুরে ফিরবেন ভেবে তিনি সেখানেই ছিলেন। কিন্তু সপ্তাহ কেটে গেলেও যখন রামকুমার ফিরলেন না, তখন মনে নানারকম তোলাপাড়া করে ঠাকুর আবার সংবাদ নিতে দক্ষিণেশ্বরে এলেন এবং শুনলেন, রাণীর সনির্বন্ধ অনুরোধে রামকুমার চিরকালের জন্য সেখানে শ্রীশ্রীজগদম্বার পূজকের পদে ব্রতী হতে সম্মত হয়েছেন। শুনেই ঠাকুরের মনে নানা কথা জাগল এবং পিতা যে শূদ্রের যাজন করতেন না ও দান নিতেন না, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তাঁকে ওই কাজ থেকে ফেরাবার চেষ্টা করতে লাগলেন। শোনা যায়, রামকুমার তখন ঠাকুরকে শাস্ত্র ও যুক্তি দিয়ে নানাভাবে বুঝিয়েছিলেন এবং কোনো কথাই তাঁর অন্তর স্পর্শ করছে না দেখে শেষ পর্যন্ত ধর্মপত্রানুষ্ঠানরূপ[8] সরল উপায় অবলম্বন করেছিলেন। শোনা যায়, ধর্মপত্রে উঠেছিল—“রামকুমার পূজকের পদ গ্রহণ করতে রাজি হয়ে নিন্দিত কর্ম করেননি। তাতে সকলেরই মঙ্গল হবে।”
ঠাকুরের আহার সম্বন্ধে নিষ্ঠা
ধর্মপত্রের মীমাংসা দেখে ঠাকুরের মন সে বিষয়ে নিশ্চিন্ত হলেও এখন অন্য এক চিন্তা তাঁর হৃদয় অধিকার করল। তিনি ভাবতে লাগলেন, চতুষ্পাঠী তো এবার উঠে গেল, তিনি এখন কী করবেন! ঝামাপুকুরে সেদিন আর না ফিরে ঠাকুর সেই চিন্তাতেই মগ্ন রইলেন এবং রামকুমার তাঁকে ঠাকুরবাড়িতে প্রসাদ পেতে বললেও তাতে রাজি হলেন না। রামকুমার নানাভাবে বোঝালেন; বললেন—“দেবালয়, গঙ্গাজলে রান্না, তার উপর শ্রীশ্রীজগদম্বাকে নিবেদিত হয়েছে, এ খেলে কোনো দোষ হবে না।” ঠাকুরের কিন্তু এসব কথা মনে লাগল না। তখন রামকুমার বললেন, “তবে সিধা নিয়ে পঞ্চবটীতলে গঙ্গাগর্ভে স্বহস্তে রান্না করে খাও; গঙ্গাগর্ভে অবস্থিত সব বস্তুই পবিত্র, এ কথা তো মানো?” আহার সম্বন্ধে ঠাকুরের মনের ঐকান্তিক নিষ্ঠা এবার তাঁর অন্তর্নিহিত গঙ্গাভক্তির কাছে পরাজিত হল। শাস্ত্রজ্ঞ রামকুমার তাঁকে যুক্তি দিয়ে এত করে বুঝিয়ে আগে যা করাতে পারেননি, বিশ্বাস ও ভক্তি তা করিয়ে দিল। ঠাকুর সে কথায় রাজি হলেন এবং সেইভাবে খেয়ে দক্ষিণেশ্বরে থাকতে লাগলেন।
ঠাকুরের গঙ্গাভক্তি
বাস্তবিক, আমরা ঠাকুরকে আজীবন গঙ্গার প্রতি গভীর ভক্তি করতে দেখেছি। বলতেন—নিত্য-শুদ্ধ ব্রহ্মই জীবকে পবিত্র করার জন্য বারিরূপে গঙ্গার আকারে পরিণত হয়ে রয়েছেন। সুতরাং গঙ্গা সাক্ষাৎ ব্রহ্মবারি। গঙ্গাতীরে বাস করলে দেবতুল্য অন্তঃকরণ হয়ে ধর্মবুদ্ধি স্বতঃ স্ফুরিত হয়। গঙ্গার পূতবাষ্পকণাপূর্ণ পবন উভয় কূলে যতদূর সঞ্চরণ করে, ততদূর পর্যন্ত পবিত্র ভূমি—সেই ভূমিবাসীদের জীবনে সদাচার, ঈশ্বরভক্তি, নিষ্ঠা, দান এবং তপস্যার ভাব শৈলসুতা ভাগীরথীর কৃপায় সদাই বিরাজ করে। অনেকক্ষণ যদি কেউ বিষয়কথা বলেছে বা বিষয়ী লোকের সঙ্গ করে এসেছে তো ঠাকুর তাকে বলতেন, ‘একটু গঙ্গাজল খেয়ে আয়।’ ঈশ্বরবিমুখ, বিষয়াসক্ত মানুষ পুণ্যাশ্রমের কোনো স্থানে বসে বিষয়চিন্তা করে তা কলুষিত করলে তিনি সেখানে গঙ্গাবারি ছিটিয়ে দিতেন এবং গঙ্গাবারিতে কেউ শৌচাদি করছে দেখলে মনে বিশেষ ব্যথা পেতেন।
ঠাকুরের দক্ষিণেশ্বরে বাস ও স্বহস্তে রান্না করে খাওয়া
সে যা হোক, মনোরম ভাগীরথীতীরে বিহগকূজিত পঞ্চবটীশোভিত উদ্যান, সুবিশাল দেবালয়ে ভক্তিমান সাধকের অনুষ্ঠিত সুসম্পন্ন দেবসেবা, ধার্মিক সদাচারী পিতৃতুল্য অগ্রজের অকৃত্রিম স্নেহ এবং দেবদ্বিজপরায়ণা পুণ্যবতী রাণী রাসমণি ও তাঁর জামাতা মথুরবাবুর শ্রদ্ধা ও ভক্তি শীঘ্রই দক্ষিণেশ্বর কালীবাড়িকে ঠাকুরের কাছে কামারপুকুরের বাড়ির মতো আপন করে তুলল এবং কিছুকাল স্বহস্তে রান্না করে খেলেও তিনি সেখানে সানন্দচিত্তে বাস করে মনের সেই কিংকর্তব্যভাব দূর করতে পারলেন।
অনুদারতা ও ঐকান্তিক নিষ্ঠার প্রভেদ
আহার সম্বন্ধে ঠাকুরের সেই নিষ্ঠার কথা শুনে কেউ কেউ হয়তো বলবেন, এইরকম অনুদারতা আমাদের মতো মানুষের অন্তরেই সচরাচর দেখা যায়—ঠাকুরের জীবনে তার উল্লেখ করে এটাই কি বলতে চাও যে এমন অনুদার না হলে আধ্যাত্মিক জীবনের চরমোন্নতি সম্ভবপর নয়? উত্তরে বলতে হয়, অনুদারতা ও ঐকান্তিক নিষ্ঠা, দুটি এক বস্তু নয়। অহংকারেই প্রথমটির জন্ম এবং তার প্রাদুর্ভাবে মানব নিজে যা বুঝছে, করছে, তাকেই সর্বোচ্চ জ্ঞান করে নিজের চারদিকে গণ্ডি টেনে নিশ্চিন্ত হয়ে বসে; এবং শাস্ত্র ও মহাপুরুষদের অনুশাসনে বিশ্বাস থেকেই দ্বিতীয়টির উৎপত্তি—তার উদয়ে মানব নিজের অহংকারকে খর্ব করে আধ্যাত্মিক জীবনে উন্নত এবং ক্রমে পরম সত্যের অধিকারী হয়। নিষ্ঠার প্রাদুর্ভাবে মানব প্রথম প্রথম কিছুকাল অনুদার বলে প্রতীয়মান হতে পারে; কিন্তু নিষ্ঠার সাহায্যে সে জীবনপথে উচ্চ থেকে উচ্চতর আলো ক্রমশ দেখতে পায় এবং তার সংকীর্ণতার গণ্ডি স্বভাবত খসে পড়ে। অতএব আধ্যাত্মিক উন্নতিপথে নিষ্ঠা একান্ত প্রয়োজন। ঠাকুরের জীবনে নিষ্ঠার সেই পরিচয় পেয়ে এটাই বোঝা যায় যে, শাস্ত্রশাসনের প্রতি দৃঢ় নিষ্ঠা রেখে যদি আমরা আধ্যাত্মিক তত্ত্বগুলি প্রত্যক্ষ করতে অগ্রসর হই, তবেই কালে যথার্থ উদারতার অধিকারী হয়ে পরম শান্তি লাভ করতে পারব, নইলে নয়। ঠাকুর যেমন বলতেন—কাঁটা দিয়েই আমাদের কাঁটা তুলতে হবে—নিষ্ঠাকে অবলম্বন করেই সত্যের উদারতায় পৌঁছতে হবে—শাসন, নিয়ম অনুসরণ করেই শাসনাতীত, নিয়মাতীত অবস্থা লাভ করতে হবে।
যৌবনের প্রারম্ভে ঠাকুরের জীবনে এইরকম অসম্পূর্ণতা রয়েছে দেখে কেউ কেউ হয়তো বলে বসবেন, তবে আর তাঁকে ঈশ্বরাবতার বলা কেন, মানুষ বললেই তো হয়? আর যদি তাঁকে ঠাকুর বানাতেই চাও, তবে তাঁর এসব অসম্পূর্ণতা চেপে ঢেকে বলাই ভালো, নইলে তোমাদের অভীষ্ট সহজে সিদ্ধ হবে না। আমরা বলি—ভ্রাতঃ, আমাদেরও এককাল গেছে যখন ঈশ্বরের মানববিগ্রহ ধারণ করে অবতীর্ণ হওয়ার কথা স্বপ্নেও সম্ভবপর বলে বিশ্বাস করিনি; আবার যখন তাঁর অহেতুক কৃপায় সে কথা যে সম্ভবপর, তা তিনি আমাদের বোঝালেন তখন দেখলাম, মানবদেহ ধারণ করতে গেলে সেই দেহের অসম্পূর্ণতাগুলির মতো মানবমনের ত্রুটিগুলিও তাঁকে যথাযথভাবে গ্রহণ করতে হয়। ঠাকুর বলতেন, “স্বর্ণাদি ধাতুতে খাদ না মেশালে যেমন গড়ন হয় না, তেমনই বিশুদ্ধ সত্ত্বগুণের সঙ্গে রজঃ এবং তমোগুণের মলিনতা কিছুমাত্র না মিশলে কোনো প্রকার দেহ-মন গঠিত হওয়া অসম্ভব।” নিজের জীবনের এসব অসম্পূর্ণতার কথা আমাদের কাছে প্রকাশ করতে তিনি কখনও কিছুমাত্র কুণ্ঠিত হননি, অথচ স্পষ্টাক্ষরে আমাদের বারংবার বলেছেন—“পূর্ব পূর্ব যুগে যিনি রাম ও কৃষ্ণাদিরূপে আবির্ভূত হয়েছিলেন, তিনিই ইদানীং (নিজের শরীর দেখিয়ে) এই খোলটার ভিতরে এসেছেন; তবে এবার গুপ্তভাবে আসা—রাজা যেমন ছদ্মবেশে শহর দেখতে বের হন, সেইরকম।” অতএব ঠাকুরের সম্বন্ধে আমাদের যা কিছু জানা আছে, সব কথাই আমরা বলে যাব। হে পাঠক, তুমি তার যতটা বিশ্বাস ও গ্রহণ করা যুক্তিযুক্ত মনে করবে, ততটা মাত্র নিয়ে বাকিটুকুর জন্য ইচ্ছামতো আমাদের নিন্দা তিরস্কার করলেও আমরা দুঃখিত হব না।
[1] শোনা যায়, রাণী রাসমণির জানবাজারের বাড়ির কাছে তখনকার দিনে ইংরেজ সৈনিকদের একটি ব্যারাক বা আড্ডা ছিল। মদ খেয়ে উচ্ছৃঙ্খল সৈনিকেরা একদিন রাণীর দারোয়ানদের জোর করে হটিয়ে দিয়ে বাড়ির মধ্যে ঢুকে লুটপাট করতে আরম্ভ করল। রাণীর জামাতা মথুরবাবু প্রমুখ পুরুষেরা তখন অন্য কাজে বাইরে গিয়েছিলেন। সৈনিকেরা বাধা না পেয়ে ক্রমে অন্দরে ঢুকতে উদ্যত হয়েছে দেখে রাণী স্বয়ং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাধা দেওয়ার জন্য প্রস্তুত হলেন।
[2] কথিত আছে, গঙ্গায় মাছ ধরার জন্য ধীবরদের উপর ইংরেজ রাজসরকার একবার কর বসিয়েছিলেন। সেই ধীবরদের অনেকে রাণীর জমিদারিতে বাস করত। করের দায়ে উৎপীড়িত হয়ে তারা রাণীর কাছে নিজেদের দুঃখ-কষ্টের কথা নিবেদন করল। রাণী শুনে তাদের অভয় দিলেন এবং বহু অর্থ দিয়ে সরকার বাহাদুরের কাছ থেকে গঙ্গায় মাছ ধরার ইজারা নিলেন। রাণী মাছের ব্যবসা করবেন ভেবে সরকার বাহাদুর ওই অধিকার দেওয়ামাত্র গঙ্গার কয়েক জায়গায় এক কূল থেকে অন্য কূল পর্যন্ত রাণী এমনভাবে শিকল বেঁধে দিলেন যে, ইংরেজদের জলযানগুলির নদীতে ঢোকার পথ প্রায় রুদ্ধ হয়ে গেল। তাঁরা তখন রাণীর এই কাজের প্রতিবাদ করলে রাণী বলে পাঠালেন, “আমি অনেক অর্থব্যয়ে নদীতে মাছ ধরার অধিকার আপনাদের কাছ থেকে কিনেছি, সেই অধিকার-সূত্রেই এমন করেছি। এমন করার কারণ, নদীর মধ্য দিয়ে জলযানাদি নিরন্তর যাতায়াত করলে মাছ সব অন্যত্র পালাবে এবং আমার সমূহ ক্ষতি হবে; অতএব নদীগর্ভ শৃঙ্খলমুক্ত কেমন করে করব। তবে যদি আপনারা নদীতে মাছ ধরার নতুন কর তুলে দিতে রাজি হন, তবে আমিও আমার অধিকারস্বত্ব স্বেচ্ছায় ত্যাগ করতে সম্মত আছি। নইলে এ নিয়ে মোকদ্দমা বাধবে এবং সরকার বাহাদুরকে আমার ক্ষতিপূরণ দিতে বাধ্য হতে হবে।” শোনা যায়, রাণীর এই যুক্তিযুক্ত কথা শুনে এবং গরিব ধীবরদের রক্ষা করার জন্যই রাণী এমন করছেন, এ কথা হৃদয়ঙ্গম করে সরকার বাহাদুর সেই কর অল্প দিন বাদেই তুলে দেন এবং ধীবরেরা আগের মতোই কর না দিয়ে ইচ্ছামতো মাছ ধরে রাণীকে আশীর্বাদ করতে থাকে।
লোকহিতকর কাজে রাণী রাসমণির উৎসাহ সর্বদা পরিলক্ষিত হত। “সোনাই, বেলেঘাটা ও ভবানীপুরে বাজার; কালীঘাটে ঘাট ও মুমূর্ষু-নিবাস; হালিসহরে জাহ্নবীতীরে ঘাট ও সুবর্ণরেখার অপর তীর হইতে কিছুদূর পর্যন্ত শ্রীক্ষেত্রের রাস্তা প্রভৃতিতে তাহার পরিচয় পাওয়া যায়। গঙ্গাসাগর, ত্রিবেণী, নবদ্বীপ, অগ্রদ্বীপ ও পুরীতে তীর্থযাত্রা করিয়া রাসমণি দেবোদ্দেশে প্রচুর অর্থব্যয় করেন।” তা ছাড়া মকিমপুর জমিদারির প্রজাদের নীলকরের অত্যাচার থেকে রক্ষা করা এবং দশ হাজার টাকা ব্যয়ে টোনায় খাল খনন করিয়ে মধুমতীর সঙ্গে নবগঙ্গার সংযোগ ঘটানো প্রভৃতি নানা সৎকার্য রাণী রাসমণি করেছিলেন।
[3] কেউ কেউ বলেন, যাত্রা করে রাণী কলিকাতার উত্তরে দক্ষিণেশ্বর গ্রাম পর্যন্ত এগিয়ে নৌকার উপর রাত্রিবাস করার সময় ওই প্রত্যাদেশ লাভ করেন।
[4] কালীবাড়ির জমির পরিমাণ ৬০ বিঘা, দেবোত্তর–দানপত্রে লেখা আছে। ১৮৪৭ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের ৬ই তারিখে সেই জমি কলিকাতার সুপ্রিম কোর্টের এটর্নি হেষ্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। অতএব মন্দিরাদি নির্মাণ করতে প্রায় দশ বছর লেগেছিল।
[5] কেউ কেউ বলেন, এই বংশের লোকেরা এক সময়ে ‘মজুমদার’ উপাধি পেয়েছিলেন।
[6] দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত রামকুমারের প্রথম আগমন সম্বন্ধে যে বিবরণ আগে দেওয়া হয়েছে, তা আমরা ঠাকুরের অনুগত ভাগনে শ্রীযুক্ত হৃদয়রামের কাছে পেয়েছি। ঠাকুরের ভাইপো শ্রীযুক্ত রামলাল ভট্টাচার্য কিন্তু সে সম্বন্ধে অন্য কথা বলেন। তিনি বলেন – কামারপুকুরের নিকটবর্তী দেশড়া নামের গ্রামের রামধন ঘোষ রাণী রাসমণির কর্মচারী ছিলেন। কার্যদক্ষতায় ইনি রাণীর সুনজরে পড়ে ক্রমে তাঁর দেওয়ান পর্যন্ত হয়েছিলেন। কালীবাড়ি প্রতিষ্ঠার সময় শ্রীযুক্ত রামকুমারের সঙ্গে পরিচয় থাকায় ইনি বিদায় নিতে আসার জন্য তাঁকে নিমন্ত্রণ-পত্র দেন। রামকুমার তা পেয়ে রাণীর জানবাজারের বাড়িতে গিয়ে রামধনকে বলেন, “রাণী কৈবর্তজাতীয়া, আমরা তাঁর নিমন্ত্রণ ও দান গ্রহণ করলে ‘একঘরে’ হতে হবে।” রামধন তা শুনে তাঁকে খাতা দেখিয়ে বলেন, “কেন? এই দেখো, কত ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হয়েছে, তারা সকলে খাবে ও রাণীর বিদায় নেবে।” রামকুমার তখন বিদায় নিতে রাজি হয়ে কালীবাড়ি প্রতিষ্ঠার আগের দিন ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে আসেন। প্রতিষ্ঠার আগের দিন যাত্রা, কালীকীর্তন, ভাগবতপাঠ, রামায়ণকথা ইত্যাদি নানা বিষয়ে কালীবাড়িতে আনন্দের প্রবাহ ছুটেছিল। রাতেও সেই আনন্দের বিরাম হয়নি এবং অসংখ্য আলোকমালায় দেবালয়ের সর্বত্র দিনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। ঠাকুর বলতেন – “সে সময় দেবালয় দেখে মনে হয়েছিল, রাণী যেন রজতগিরি তুলে আনিয়ে এখানে বসিয়ে দিয়েছেন।” সেই আনন্দোৎসব দেখার জন্য শ্রীযুক্ত রামকুমার প্রতিষ্ঠার আগের দিন কালীবাড়িতে এসেছিলেন।
শ্রীযুক্ত রামলাল ভট্টাচার্যের এই কথা থেকে অনুমান করা যায়, রামধন ও মহেশ দুজনের অনুরোধে শ্রীযুক্ত রামকুমার দক্ষিণেশ্বরে এসে পূজকের পদ গ্রহণ করেছিলেন।
[7] বালী, উত্তরপাড়া প্রভৃতি গ্রামের প্রাচীন লোকেরা এখনও এ কথা সত্য বলে সাক্ষ্য দেন।
[8] পল্লিগ্রামে রীতি আছে, কোনো বিষয় যুক্তি দিয়ে মীমাংসা হওয়ার সম্ভাবনা না দেখলে লোকে দৈবের উপর নির্ভর করে, সে বিষয়ে দেবতার কী অভীপ্সিত তা জানার জন্য ধর্মপত্রের অনুষ্ঠান করে এবং তার সাহায্যে দেবতার ইচ্ছা জেনে এ নিয়ে আর যুক্তিতর্ক না করে সেই অনুযায়ী কাজ করে। ধর্মপত্র এইভাবে অনুষ্ঠিত হয় –
কতকগুলি টুকরো কাগজে বা বিল্বপত্রে ‘হাঁ’ ‘না’ লিখে একটি ঘটিতে রেখে কোনো শিশুকে একখণ্ড তুলতে বলা হয়। শিশু ‘হাঁ’ লেখা কাগজ তুললে অনুষ্ঠাতা বোঝে, দেবতা তাকে সেই কাজ করতে বলছেন। বলা বাহুল্য, বিপরীত উঠলে অনুষ্ঠাতা দেবতার অভিপ্রায় অন্যরকম বোঝে। ধর্মপত্রের অনুষ্ঠানে কখনও কখনও বিষয়সম্পত্তির ভাগ-বাঁটোয়ারাও হয়। যেমন, বাবার চার সন্তান আগে একসঙ্গে ছিল; এখন থেকে আলাদা হওয়ার সংকল্প করে সম্পত্তি ভাগ করতে গিয়ে তার কোন অংশ কে নেবে, ভেবে ঠিক করতে পারল না; তাই গ্রামের কয়েকজন নিঃস্বার্থ ধার্মিক লোককে মীমাংসা করে দিতে বলল। তাঁরা তখন স্থাবর অস্থাবর সমুদয় সম্পত্তি যতদূর সম্ভব সমান চার ভাগে ভাগ করে কোন ভাইয়ের ভাগ্যে কোন ভাগটি পড়বে, তা ধর্মপত্র দিয়ে মীমাংসা করেন। সে সময়েও প্রায় আগের মতো অনুষ্ঠান হয়। ছোট ছোট কাগজখণ্ডে সম্পত্তির অধিকারীদের নাম লিখে, কেউ যাতে দেখতে না পায় এমনভাবে মুড়ে একটি ঘটির ভিতর রাখা হয় এবং সেই চার ভাগে ভাগ করা সম্পত্তির প্রত্যেক ভাগ ‘ক’ ‘খ’ ইত্যাদি চিহ্নে নির্দিষ্ট করে তেমনই ছোট ছোট কাগজখণ্ডে লিখে অন্য একটি পাত্রে আগের মতো রাখা হয়। তারপর দুজন শিশুকে ডেকে একজনকে একটি পাত্র থেকে এবং অন্যজনকে অন্য পাত্র থেকে ওই কাগজখণ্ডগুলি তুলতে বলা হয়। এরপর কাগজগুলি খুলে দেখে যে নামে সম্পত্তির যে ভাগটি উঠেছে, সেটিই তাকে নিতে বাধ্য করা হয়।
প্রথম দর্শন থেকে মথুরবাবুর ঠাকুরের প্রতি আচরণ ও সংকল্প
মন্দিরপ্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরে ঠাকুরের সৌম্য দর্শন, কোমল প্রকৃতি, ধর্মনিষ্ঠা ও অল্প বয়স রাণী রাসমণির জামাতা শ্রীযুক্ত মথুরবাবুর দৃষ্টি আকর্ষণ করেছিল। দেখা যায়, জীবনে যাদের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্বন্ধ গড়ে ওঠে, তাদের প্রথম দর্শনে মানবহৃদয়ে একটা প্রীতির আকর্ষণ সহসা এসে দেখা দেয়। শাস্ত্র বলেন, তা আমাদের পূর্বজন্মকৃত সম্বন্ধের সংস্কার থেকে উদিত হয়। ঠাকুরকে দেখে মথুরবাবুর মনে এই সময়ে যে এইরকম একটা অনির্দিষ্ট আকর্ষণ জেগেছিল, এ কথা পরবর্তী কালে তাঁদের পরস্পরের মধ্যে সুদৃঢ় প্রেমসম্বন্ধ দেখে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি।
দেবালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে এক মাস ধরে ঠাকুর কী করা কর্তব্য, স্থির করতে না পেরে অগ্রজের অনুরোধে দক্ষিণেশ্বরে ছিলেন। মথুরবাবু ইতিমধ্যে তাঁকে দেবীর বেশকারীর কাজে নিযুক্ত করার সংকল্প মনে মনে স্থির করে রামকুমার ভট্টাচার্যের কাছে সে প্রসঙ্গ তুলেছিলেন। রামকুমার তা শুনে ভাইয়ের মানসিক অবস্থার কথা তাঁকে আনুপূর্বিক নিবেদন করে এ ব্যাপারে তাঁকে নিরুৎসাহিত করলেন। কিন্তু মথুর সহজে নিরস্ত হওয়ার পাত্র ছিলেন না। এভাবে প্রত্যাখ্যাত হয়েও তিনি সেই সংকল্প কাজে পরিণত করার সুযোগ খুঁজতে লাগলেন।
ঠাকুরের ভাগনে হৃদয়রাম
ঠাকুরের জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধে সংযুক্ত আর এক ব্যক্তি এখন দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হল। ঠাকুরের পিসতুতো বোন শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীহৃদয়রাম মুখোপাধ্যায় সেই ঘটনার কয়েক মাস আগে কাজের খোঁজে বর্ধমান শহরে এসে উপস্থিত হয়েছিল।
পাঠকের সুবিধার জন্য আমরা ঠাকুরের বংশতালিকা এখানে দিচ্ছি –
হৃদয়ের বয়স তখন ষোলো বছর। যুবকটি সেখানে গ্রামের পরিচিত লোকদের সঙ্গে থেকে নিজের সংকল্পসিদ্ধির কোনো সুবিধা করতে পারছিল না। সে এখন লোকমুখে সংবাদ পেল, তার মামারা রাণী রাসমণির নতুন দেবালয়ে সসম্মানে আছেন, সেখানে যেতে পারলে অভিপ্রায়সিদ্ধির সুযোগ হতে পারে। কালবিলম্ব না করে হৃদয় দক্ষিণেশ্বর-দেবালয়ে এসে পৌঁছল এবং বাল্যকাল থেকে সুপরিচিত, প্রায় সমবয়স্ক মামা শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে মিলিত হয়ে সেখানে আনন্দে দিন কাটাতে লাগল।
হৃদয় দীর্ঘাকৃতি এবং দেখতে সুশ্রী সুপুরুষ ছিল। তার শরীর যেমন সুদৃঢ় ও বলিষ্ঠ ছিল, মনও তেমনই উদ্যমশীল ও ভয়শূন্য ছিল। কঠোর পরিশ্রম করতে ও অবস্থানুযায়ী ব্যবস্থা করতে, এবং প্রতিকূল অবস্থায় পড়লে স্থির থেকে অদ্ভুত সব উপায় উদ্ভাবন করে তা অতিক্রম করতে হৃদয় পারদর্শী ছিল। নিজের ছোট মামাকে সে সত্যি সত্যিই ভালোবাসত এবং তাঁকে সুখী করার জন্য অশেষ শারীরিক কষ্ট স্বীকার করতে কুণ্ঠিত হত না।
সর্বদা অনলস হৃদয়ের অন্তরে ভাবুকতার বিন্দুবিসর্গ ছিল না। সেজন্য সংসারী মানুষের যেমন হয়, হৃদয়ের চিত্ত নিজের স্বার্থচেষ্টা থেকে কখনও সম্পূর্ণ বিযুক্ত হতে পারত না। ঠাকুরের সঙ্গে হৃদয়ের এখন থেকে যে সম্বন্ধ গড়ে উঠল, সে কথা আমরা যতই আলোচনা করব ততই দেখতে পাব, তার জীবনে ভবিষ্যতে যতটুকু ভাবুকতা ও নিঃস্বার্থ চেষ্টার পরিচয় পাওয়া যায়, তা ভাবময় ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে এবং কখনও কখনও তাঁর চেষ্টার অনুকরণে দেখা দিত। ঠাকুরের মতো আহার, বিহার প্রভৃতি সবরকম শারীরচেষ্টায় উদাসীন, সর্বদা চিন্তাশীল, স্বার্থগন্ধশূন্য ভাবুকজীবন গড়ে ওঠার সময় হৃদয়ের মতো একজন শ্রদ্ধাসম্পন্ন সাহসী উদ্যমশীল কর্মীর সহায়তা নিতান্ত প্রয়োজন। শ্রীশ্রীজগদম্বা কি সেইজন্য ঠাকুরের সাধনকালে হৃদয়ের মতো পুরুষকে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধে সম্বদ্ধ করেছিলেন? ঠাকুর এ কথা আমাদের বারংবার বলেছেন, হৃদয় না থাকলে সাধনকালে তাঁর শরীর রক্ষা করা অসম্ভব হত। শ্রীশ্রীরামকৃষ্ণ-জীবনের সঙ্গে হৃদয়ের নাম সেজন্য নিত্যসংযুক্ত—এবং সেজন্যই সে আন্তরিক ভক্তিশ্রদ্ধার অধিকারী হয়ে চিরকালের জন্য আমাদের প্রণম্য হয়ে রয়েছে।
হৃদয়ের আগমনে ঠাকুর
হৃদয় যখন দক্ষিণেশ্বরে এল, ঠাকুর তখন মাত্র কয়েক মাস হল কুড়ি বছরে পা দিয়েছেন। সহচররূপে হৃদয়কে পেয়ে তাঁর দক্ষিণেশ্বরে বাস যে তখন থেকে অনেকটা সহজ হয়েছিল, এ কথা আমরা বেশ অনুমান করতে পারি। তিনি তখন থেকে বেড়ানো, শোয়া, বসা প্রভৃতি সব কাজই হৃদয়কে সঙ্গে নিয়ে করতেন। চিরকাল বালকভাবাপন্ন শ্রীরামকৃষ্ণদেবের যেসব কাজকর্ম সাধারণ চোখে নিষ্কারণ, হৃদয় সেগুলির প্রতিবাদ না করে সর্বদা সর্বান্তঃকরণে অনুমোদন করত ও সহানুভূতি জানাত বলে তখন থেকে তাঁর বিশেষ প্রিয় হয়ে উঠেছিল।
ঠাকুরের প্রতি হৃদয়ের ভালোবাসা
হৃদয় আমাদের নিজমুখে বলেছে—“এই সময় থেকে আমি ঠাকুরের প্রতি একটা অনির্বচনীয় আকর্ষণ অনুভব করতাম ও ছায়ার মতো সর্বদা তাঁর সঙ্গে থাকতাম। তাঁকে ছেড়ে একদণ্ড কোথাও থাকতে হলে কষ্ট বোধ হত। শোয়া, বেড়ানো, বসা প্রভৃতি সব কাজ একসঙ্গে করতাম। কেবল দুপুরে খাওয়ার সময় কিছুক্ষণের জন্য আমাদের আলাদা হতে হত। কারণ, ঠাকুর সিধা নিয়ে পঞ্চবটীতে স্বহস্তে রান্না করে খেতেন এবং আমি ঠাকুরবাড়িতে প্রসাদ পেতাম। তাঁর রান্নাবান্নার সমস্ত জোগাড় আমি করে দিয়ে যেতাম এবং অনেক সময়ে প্রসাদও পেতাম। এভাবে রান্না করে খেয়েও কিন্তু তিনি মনে শান্তি পেতেন না—আহার সম্বন্ধে তাঁর নিষ্ঠা তখন এত প্রবল ছিল। দুপুরে ওভাবে রান্না করলেও রাতে কিন্তু তিনি আমাদের মতো শ্রীশ্রীজগদম্বাকে নিবেদিত প্রসাদী লুচি খেতেন। কতদিন দেখেছি, ওই লুচি খেতে খেতে তাঁর চোখে জল এসেছে এবং তিনি আক্ষেপ করে শ্রীশ্রীজগন্মাতাকে বলেছেন, ‘মা, আমাকে কৈবর্তের অন্ন খাওয়ালি!’”
ঠাকুর কখনও কখনও নিজমুখে আমাদের এই সময়ের কথা এভাবে বলেছেন, “কৈবর্তের অন্ন খেতে হবে ভেবে মনে তখন দারুণ কষ্ট হত। গরিব কাঙালেরাও অনেকে তখন রাসমণির ঠাকুরবাড়িতে সেজন্য খেতে আসত না। খাওয়ার লোক জুটত না বলে কতদিন প্রসাদী অন্ন গরুকে খাওয়াতে এবং বাকিটা গঙ্গায় ফেলে দিতে হয়েছে।” তবে এভাবে রান্না করে তাঁকে যে বহুদিন খেতে হয়নি, এ কথাও আমরা হৃদয় ও ঠাকুর দুজনের মুখেই শুনেছি। আমাদের ধারণা, কালীবাড়িতে পূজকের পদে ঠাকুর যতদিন না ব্রতী হন, ততদিনই সেরকম করতেন এবং ওই পদে তিনি ব্রতী হয়েছিলেন দেবালয়প্রতিষ্ঠার দুই তিন মাস পরেই।
ঠাকুরের আচরণ সম্বন্ধে যা হৃদয় বুঝতে পারত না
ঠাকুর যে তাকে বিশেষ ভালোবাসেন, এ কথা হৃদয় বুঝত। তাঁর সম্বন্ধে কেবল একটি কথা সে কিছুতেই বুঝতে পারত না। কথাটা এই,—বড় মামা রামকুমারকে যখন সে কোনো বিষয়ে সাহায্য করতে যেত, দুপুরে খাওয়াদাওয়ার পর যখন একটু শুত, অথবা সন্ধ্যায় যখন সে মন্দিরে আরাত্রিক দর্শন করত, তখন ঠাকুর কিছুক্ষণের জন্য কোথায় অন্তর্হিত হতেন। অনেক খুঁজেও সে তখন তাঁর সন্ধান পেত না। পরে দু-এক ঘণ্টা কেটে গেলে তিনি যখন ফিরতেন, তখন জিজ্ঞাসা করলে বলতেন, ‘এইখানেই ছিলাম।’ কোনো কোনো দিন খুঁজতে গিয়ে সে তাঁকে পঞ্চবটীর দিক থেকে ফিরতে দেখে ভাবত, তিনি শৌচাদির জন্য ওদিকে গিয়েছিলেন এবং আর কোনো কথা জিজ্ঞাসা করত না।
ঠাকুরের গড়া শিবমূর্তিদর্শনে মথুরের প্রশংসা
হৃদয় বলত, ‘এই সময়ে একদিন মূর্তি গড়ে ঠাকুরের শিবপূজা করতে ইচ্ছা হয়।’ আমরা ইতিপূর্বে বলেছি, বাল্যকালে কামারপুকুরে তিনি কখনও কখনও তেমন করতেন। ইচ্ছা হওয়ামাত্র তিনি গঙ্গাগর্ভ থেকে মাটি তুলে এনে বৃষ, ডমরু ও ত্রিশূল সহ একটি শিবমূর্তি স্বহস্তে গড়ে সেটির পূজা করতে লাগলেন। মথুরবাবু সেই সময়ে ইতস্তত বেড়াতে বেড়াতে সেখানে এসে উপস্থিত হলেন এবং ঠাকুর তন্ময় হয়ে কী পূজা করছেন জানতে উৎসুক হয়ে কাছে এসে মূর্তিটি দেখতে পেলেন। বড় না হলেও মূর্তিটি সুন্দর হয়েছিল। মথুর সেটি দেখে বিস্মিত হলেন, বাজারে এমন দেবভাবাঙ্কিত মূর্তি যে পাওয়া যায় না, তা তিনি দেখেই বুঝলেন। কৌতূহলপরবশ হয়ে তিনি হৃদয়কে জিজ্ঞাসা করলেন, “এ মূর্তি কোথায় পেলে, কে গড়েছে?” ঠাকুর দেবদেবীর মূর্তি গড়তে এবং ভাঙা মূর্তি সুন্দরভাবে জুড়তে জানেন—হৃদয়ের উত্তরে এ কথা জানতে পেরে মথুর বিস্মিত হলেন এবং পূজার পর মূর্তিটি তাঁকে দেওয়ার জন্য অনুরোধ করলেন। হৃদয়ও সে কথায় রাজি হয়ে পূজাশেষে ঠাকুরকে বলে মূর্তিটি নিয়ে মথুরবাবুকে দিয়ে এলেন। মূর্তিটি হাতে পেয়ে মথুর এবার সেটি তন্ন তন্ন করে নিরীক্ষণ করতে লাগলেন এবং নিজে মুগ্ধ হয়ে রাণীকে দেখাতে পাঠালেন। রাণীও মূর্তিটি দেখে নির্মাতার বিশেষ প্রশংসা করলেন এবং ঠাকুর সেটি গড়েছেন জেনে মথুরের মতো বিস্ময় প্রকাশ করলেন।[1] ঠাকুরকে দেবালয়ের কাজে নিযুক্ত করতে মথুরের আগেই ইচ্ছা হয়েছিল, এখন তাঁর এই নতুন গুণপনার পরিচয় পাওয়ার পর সেই ইচ্ছা আরও প্রবল হল। মথুরের এই অভিপ্রায়ের কথা ঠাকুর আগেই অগ্রজের কাছে শুনেছিলেন; কিন্তু ভগবান ছাড়া আর কারও চাকরি করব না—এমন একটা ভাব বাল্যকাল থেকে তাঁর মনে দৃঢ়নিবদ্ধ থাকায় তিনি সে কথায় কর্ণপাত করেননি।
চাকরি করা সম্বন্ধে ঠাকুর
চাকরি করা সম্বন্ধে ঠাকুরকে এইরকম ভাব প্রকাশ করতে আমরা অনেক সময় শুনেছি। বিশেষ অভাবে না পড়ে কেউ স্বেচ্ছায় চাকরি নিলে ঠাকুর সে লোক সম্বন্ধে উচ্চ ধারণা করতেন না। তাঁর বালক ভক্তদের মধ্যে একজন[2] একসময়ে চাকরি নিয়েছে জেনে বিশেষ ব্যথিত হয়ে তাঁকে আমরা বলতে শুনেছি, “সে মরেছে শুনলে আমার যত না কষ্ট হত, সে চাকরি করছে শুনে তার চেয়েও বেশি কষ্ট হয়েছে!” পরে কিছুকাল কেটে গেলে তার সঙ্গে আবার দেখা হয়ে যখন জানলেন, সে তার অসহায় বৃদ্ধা মায়ের ভরণপোষণের জন্য চাকরি নিয়েছে, তখন তিনি সস্নেহে তার গায়ে ও মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, “তাতে দোষ নেই, ঐজন্য চাকরি করায় তোকে দোষ স্পর্শ করবে না; কিন্তু মার জন্য না হয়ে যদি তুই স্বেচ্ছায় চাকরি করতে যেতিস, তাহলে তোকে আর স্পর্শ করতে পারতুম না। তাই তো বলি, আমার নিরঞ্জনে এতটুকু অঞ্জন (কাল দাগ) নেই, তার ঐরূপ হীনবুদ্ধি কেন হবে?”
নিত্যনিরঞ্জনকে উদ্দেশ করে ঠাকুরের সেই কথা শুনে অন্য আগন্তুকেরা সকলেই বিস্মিত হল। একজন বলেও বসল, “মহাশয়, আপনি চাকরির নিন্দা করছেন, কিন্তু চাকরি না করলে সংসার চালাব কী করে?” তার উত্তরে ঠাকুর বললেন, “যে করবে, করুক না; আমি তো সকলকে চাকরি করতে নিষেধ করছি না, (নিরঞ্জনকে ও তাঁর অন্যান্য বালক ভক্তদের দেখিয়ে) এদের ঐ কথা বলছি; এদের কথা আলাদা।” বলা বাহুল্য, ঠাকুর তাঁর বালক ভক্তদের জীবন অন্যভাবে গড়ছিলেন এবং পূর্ণ আধ্যাত্মিক ভাবের সঙ্গে চাকরি করাটার কখনও সামঞ্জস্য হয় না—এই ধারণা ছিল বলেই তিনি সে কথা বলেছিলেন।
চাকরি করতে বলবে বলে ঠাকুরের মথুরের কাছে যেতে সংকোচ
অগ্রজের কাছ থেকে মথুরবাবুর ওই অভিপ্রায় জানতে পেরে ঠাকুর তখন থেকে তাঁর সামনে না গিয়ে যতটা পারেন তাঁর চোখের অন্তরালে থাকার চেষ্টা করতেন। কারণ, কায়মনোবাক্যে সত্য ও ধর্ম পালন করতে তিনি যেমন কখনও কারও অপেক্ষা রাখতেন না, তেমনই আবার বিশেষ কারণ না থাকলে কাউকে উপেক্ষা করে বৃথা কষ্ট দিতে চিরকাল কুণ্ঠিত হতেন। আবার, কোনো প্রত্যাশা মনের ভিতর না রেখে গুণী ব্যক্তির গুণের আদর করা এবং মানী ব্যক্তিকে সরল স্বাভাবিকভাবে সম্মান দেওয়াটা ঠাকুরের প্রকৃতিগত ছিল। অতএব দেবালয়ে পূজকপদ গ্রহণ করবেন কি না, এই প্রশ্নের যা হয় একটা মীমাংসায় নিজে উপনীত হওয়ার আগে যদি মথুরবাবু তা গ্রহণ করতে অনুরোধ করে তাঁকে ধরে বসেন, তাহলে বাধ্য হয়ে প্রত্যাখ্যান করে তাঁকে মথুরের মনে কষ্ট দিতে হবে—এই আশঙ্কাই যে ঠাকুরের এই চেষ্টার মূলে ছিল, তা আমরা বেশ বুঝতে পারি। বিশেষত, তিনি তখন একজন নগণ্য যুবকমাত্র এবং রাণী রাসমণির দক্ষিণহস্তস্বরূপ মথুর মহামাননীয় ব্যক্তি; এ অবস্থায় মথুরের অনুরোধ প্রত্যাখ্যান করাটা তাঁর পক্ষে বালসুলভ চপলতা বলে গণ্য হবে। কিন্তু যত দিন যাচ্ছে, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকাটা তাঁর কাছে তত প্রীতিকর বলে বোধ হচ্ছে—নিজের মনোগত এই ভাবটিও অন্তর্দৃষ্টিসম্পন্ন ঠাকুরের কাছে লুকোনো ছিল না। কোনো গুরুতর কাজের দায়িত্ব না নিয়ে দক্ষিণেশ্বরে থাকতে পেলে তাঁর যে তখন আর আগের মতো আপত্তি ছিল না এবং জন্মভূমি কামারপুকুরে ফেরার জন্য তাঁর মন যে তখন আর আগের মতো চঞ্চল ছিল না, এ কথা আমরা পরবর্তী ঘটনাবলি থেকে বেশ বুঝতে পারি।
ঠাকুরের পূজকের পদগ্রহণ
ঠাকুর যা আশঙ্কা করছিলেন, তাই একদিন হয়ে বসল। মথুরবাবু কালীমন্দিরে দর্শনাদি করতে এসে কিছু দূরে ঠাকুরকে দেখতে পেয়ে তাঁকে ডেকে পাঠালেন। ঠাকুর তখন হৃদয়ের সঙ্গে বেড়াতে বেড়াতে মথুরবাবুকে দূরে দেখতে পেয়ে সেখান থেকে সরে অন্যত্র যাচ্ছিলেন, এমন সময়ে মথুরের ভৃত্য এসে সংবাদ দিল, “বাবু আপনাকে ডাকছেন।” ঠাকুর মথুরের কাছে যেতে ইতস্তত করছেন দেখে হৃদয় কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন—“গেলেই আমাকে এখানে থাকতে বলবে, চাকরি নিতে বলবে।” হৃদয় বলল, “তাতে দোষ কী? এমন জায়গায়, মহতের আশ্রয়ে কাজ পাওয়া তো ভালো বই মন্দ নয়, তবে কেন ইতস্তত করছ?”
ঠাকুর— “আমার চাকরিতে চিরকাল আবদ্ধ হয়ে থাকতে ইচ্ছা নেই। বিশেষত এখানে পূজা করতে রাজি হলে দেবীর অঙ্গে যে সমস্ত অলংকারাদি আছে তার জন্য দায়ী থাকতে হবে, সে বড় হাঙ্গামার কথা; আমাকে দিয়ে তা সম্ভব হবে না। তবে যদি তুমি ওই কাজের ভার নিয়ে এখানে থাক, তাহলে আমার পূজা করতে আপত্তি নেই।”
হৃদয় এখানে চাকরির খোঁজেই এসেছিল। সুতরাং ঠাকুরের এ কথায় সে আনন্দে রাজি হল। ঠাকুর তখন মথুরবাবুর কাছে গেলেন এবং মথুরবাবু তাঁকে দেবালয়ে কাজ নিতে অনুরোধ করলে নিজের সেই অভিপ্রায় প্রকাশ করলেন। শ্রীযুক্ত মথুর তাঁর কথায় রাজি হয়ে সেদিন থেকে তাঁকে কালীমন্দিরে বেশকারীর পদে এবং হৃদয়কে রামকুমার ও ঠাকুরকে সাহায্য করতে নিযুক্ত করলেন। মথুরবাবুর অনুরোধে ভাইকে এভাবে কাজে নিযুক্ত হতে দেখে রামকুমার নিশ্চিন্ত হলেন।
৺গোবিন্দজীর বিগ্রহ ভগ্ন হওয়া
আগে যে ঘটনাবলির কথা বলা হয়েছে, দেবালয়প্রতিষ্ঠার তিন মাসের মধ্যেই সেগুলি হয়ে গেল। ১২৬২ সালের ভাদ্র মাস উপস্থিত। আগের দিন মন্দিরে জন্মাষ্টমীকৃত্য যথাযথ সুসম্পন্ন হয়ে গেছে। আজ নন্দোৎসব। দুপুরে ৺রাধাগোবিন্দজীর বিশেষ পূজা ও ভোগরাগাদি হয়ে গেলে পূজক ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় ৺রাধারাণীকে অন্য ঘরে শয়ন করিয়ে এসে ৺গোবিন্দজীকে শয়ন করাতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ পড়ে গেলেন; বিগ্রহের একটি পদ ভেঙে গেল। নানা পণ্ডিতের মতামত নেওয়ার পরে ঠাকুরের পরামর্শে বিগ্রহের ভাঙা অংশ জুড়ে পূজা চলতে লাগল।[3] ভগবৎপ্রেমে ঠাকুরকে আগে মধ্যে মধ্যে ভাবাবিষ্ট হতে দেখে এবং কোনো কোনো বিষয়ে আদেশ পেয়েছেন শুনেই মথুরবাবু ভগ্নবিগ্রহ-পরিবর্তন সম্বন্ধে তাঁর পরামর্শ নিতে সমুৎসুক হয়েছিলেন। হৃদয় বলত, ভগ্নবিগ্রহ সম্বন্ধে মথুরবাবুর প্রশ্নের উত্তর দেওয়ার আগে ঠাকুর ভাবাবিষ্ট হয়েছিলেন, এবং ভাব ভাঙলে বলেছিলেন, বিগ্রহমূর্তি-পরিবর্তনের প্রয়োজন নেই। ঠাকুর যে ভগ্নবিগ্রহ সুন্দরভাবে জুড়তে পারেন, এ কথা মথুরবাবুর অবিদিত ছিল না। সুতরাং তাঁর অনুরোধে ঠাকুরকেই এবার ওই বিগ্রহ জুড়ে দিতে হল। তিনি সেটি এমন সুন্দরভাবে জুড়েছিলেন যে, বিশেষ নিরীক্ষণ করে দেখলেও ওই মূর্তি যে কোনোকালে ভগ্ন হয়েছিল, তা এখনও বোঝা যায় না।
৺রাধাগোবিন্দজীর বিগ্রহ এভাবে ভগ্ন হওয়ার পর অঙ্গহীন বিগ্রহে পূজা সিদ্ধ হয় না বলে অনেকে তখন অনেক কথা বলাবলি করত। রাণী রাসমণি ও মথুরবাবু কিন্তু ঠাকুরের যুক্তিযুক্ত পরামর্শে দৃঢ় বিশ্বাস রেখে সেসব কথায় কর্ণপাত করতেন না। সে যা হোক, পূজক ক্ষেত্রনাথ অনবধানতার অপরাধে কর্মচ্যুত হলেন এবং ৺রাধাগোবিন্দজীর পূজার ভার সেই থেকে ঠাকুরের উপরে ন্যস্ত হল। হৃদয়ও তখন থেকে পূজার সময় শ্রীশ্রীকালীমাতাকে বেশ পরিয়ে রামকুমারকে সাহায্য করতে লাগল।
ভগ্নবিগ্রহের পূজা সম্বন্ধে ঠাকুর জয়নারায়ণবাবুকে যা বলেন
বিগ্রহভঙ্গপ্রসঙ্গে হৃদয় এক সময়ে আমাদের আর একটি কথা বলেছিল। কলিকাতার কয়েক মাইল উত্তরে, বরাহনগরে কুটিঘাটার কাছে নড়ালের প্রসিদ্ধ জমিদার ৺রতন রায়ের ঘাট বিদ্যমান। সেই ঘাটের কাছে একটি ঠাকুরবাড়ি আছে। সেখানে ৺দশমহাবিদ্যামূর্তি প্রতিষ্ঠিত। আগে সেই ঠাকুরবাড়িতে পূজাদির বেশ বন্দোবস্ত থাকলেও ঠাকুরের সাধনকালে সেটি হীনদশায় পড়েছিল। মথুরবাবু যখন ঠাকুরকে বিশেষ ভক্তিশ্রদ্ধা করছেন, তখন ঠাকুর এক সময়ে তাঁর সঙ্গে সেই দেবালয় দর্শন করতে এসেছিলেন এবং অভাব দেখে মথুরবাবুকে বলে ভোগের জন্য দুই মণ চাল ও দুটি করে টাকার মাসিক বন্দোবস্ত করে দিয়েছিলেন। তখন থেকে সেখানে তিনি মধ্যে মধ্যে ৺দশমহাবিদ্যা দর্শন করতে আসতেন। একদিন এভাবে দর্শন করে ফেরার সময় ঠাকুর সেখানকার সুপ্রসিদ্ধ জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে অনেক লোকের সঙ্গে তাঁর নিজের প্রতিষ্ঠিত ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখলেন। পূর্বপরিচয় থাকায় ঠাকুর তাঁর সঙ্গে দেখা করতে গেলেন। জয়নারায়ণবাবু তাঁকে নমস্কার ও সাদর আহ্বান জানিয়ে সঙ্গীদের তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। পরে কথাপ্রসঙ্গে রাণী রাসমণির কালীবাড়ির কথা তুলে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন—“মহাশয়, ওখানকার ৺গোবিন্দজী কি ভাঙ্গা?” ঠাকুর তা শুনে বললেন, “তোমার কী বুদ্ধি গো? অখণ্ডমণ্ডলাকার যিনি, তিনি কি কখনও ভাঙ্গা হন?” জয়নারায়ণবাবুর প্রশ্নে নিরর্থক নানা কথা ওঠার সম্ভাবনা দেখে ঠাকুর এভাবে সেই প্রসঙ্গ পালটে দিলেন এবং অন্য প্রসঙ্গ তুলে সব বস্তুর অসার ভাগ ছেড়ে সার ভাগ গ্রহণ করতে তাঁকে বললেন! সুবুদ্ধিসম্পন্ন জয়নারায়ণবাবুও ঠাকুরের ইঙ্গিত বুঝে তখন থেকে এইরকম প্রশ্ন করা ছেড়ে দিয়েছিলেন।
ঠাকুরের সংগীতশক্তি
হৃদয়ের কাছে শুনেছি, ঠাকুরের পূজা একটা দেখবার জিনিস ছিল; যে দেখত সে মুগ্ধ হত। আর ঠাকুরের সেই প্রাণের উচ্ছ্বাসে মধুর কণ্ঠে গান! —সে গান যে একবার শুনত, সে কখনও ভুলতে পারত না। তাতে ওস্তাদি কালোয়াতি ঢং-ঢাং কিছুই ছিল না; ছিল কেবল গানের বিষয়ের ভাবটি নিজের মধ্যে সম্পূর্ণ আরোপ করে মর্মস্পর্শী মধুর স্বরে যথাযথ প্রকাশ এবং তাল লয়ের বিশুদ্ধতা। ভাবই যে সংগীতের প্রাণ, এ কথা যে তাঁর গান শুনেছে সেই বুঝেছে। আবার তাল লয় বিশুদ্ধ না হলে সেই ভাব যে আত্মপ্রকাশে বাধা পায়—এ কথা ঠাকুরের মুখনিঃসৃত সংগীত শুনে এবং অন্যের সংগীতের সঙ্গে তার তুলনা করে বেশ বোঝা যেত। রাণী রাসমণি যখন দক্ষিণেশ্বরে আসতেন, তখন ঠাকুরকে ডাকিয়ে তাঁর গান শুনতেন। নিম্নলিখিত গানটি তাঁর বিশেষ প্রিয় ছিল –
কোন্ হিসাবে হরহৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে।
সাধ করে জিব্ বাড়ায়েছ, যেন কত ন্যাকা মেয়ে॥
জেনেছি জেনেছি তারা,
তারা কি তোর এমনি ধারা।
তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে॥
ঠাকুরের গান অত মধুর লাগার আর একটি কারণ ছিল। গান গাওয়ার সময় তিনি গানের ভাবে নিজে এত মুগ্ধ হতেন যে, অন্য কারও প্রীতির জন্য গান গাইছেন, এ কথা একেবারে ভুলে যেতেন। গানের ভাবে মুগ্ধ হয়ে এমন সম্পূর্ণ আত্মবিস্মৃত হতে আমরা জীবনে আর কাউকে দেখিনি। ভাবুক গায়কেরাও শ্রোতার কাছ থেকে প্রশংসার প্রত্যাশা কিছু না কিছু রাখেন। ঠাকুরকেই কেবল দেখেছি, তাঁর গান শুনে কেউ প্রশংসা করলে তিনি যথার্থই ভাবতেন, এই লোকটি গানের ভাবের প্রশংসা করছে এবং সে প্রশংসার বিন্দুমাত্র তাঁর প্রাপ্য নয়।
প্রথম পূজাকালে ঠাকুরের দর্শন
হৃদয় বলত, এই সময়ে গান গাইতে গাইতে দুই চোখের জলে তাঁর বুক ভেসে যেত; এবং যখন পূজা করতেন, তখন এমন তন্ময়ভাবে করতেন যে, পূজাস্থানে কেউ এলে বা কাছে দাঁড়িয়ে কথা বললেও তিনি তা আদৌ শুনতে পেতেন না। ঠাকুর বলতেন, অঙ্গন্যাস, করন্যাস প্রভৃতি পূজাঙ্গগুলি সম্পন্ন করার সময় সেই সব মন্ত্রবর্ণ নিজের দেহে উজ্জ্বল বর্ণে সন্নিবেশিত রয়েছে, তা তিনি বাস্তবিক দেখতে পেতেন। বাস্তবিকই দেখতেন—সর্পাকৃতি কুণ্ডলিনীশক্তি সুষুম্নামার্গ দিয়ে সহস্রারে উঠছেন এবং শরীরের যে যে অংশকে সেই শক্তি ত্যাগ করছেন, সেই সেই অংশগুলি একেবারে নিস্পন্দ, অসাড় ও মৃতবৎ হয়ে যাচ্ছে! আবার পূজা-পদ্ধতির বিধান অনুসারে যখন “রং ইতি জলধারয়া বহ্নিপ্রাকারং বিচিন্ত্য”—অর্থাৎ, রং এই মন্ত্রবর্ণ উচ্চারণ করে পূজক নিজের চারদিকে জল ছড়িয়ে ভাববে যেন অগ্নির প্রাচীরে পূজাস্থান বেষ্টিত রয়েছে এবং সেজন্য কোনো প্রকার বিঘ্নবাধা সেখানে প্রবেশ করতে পারছে না—প্রভৃতি কথা উচ্চারণ করতেন, তখন দেখতে পেতেন তাঁর চারদিকে শত জিহ্বা বিস্তার করে অনুল্লঙ্ঘনীয় অগ্নির প্রাচীর সত্য সত্যই বিদ্যমান রয়েছে এবং পূজাস্থানকে সর্ববিধ বিঘ্নের হাত থেকে সর্বতোভাবে রক্ষা করছে। হৃদয় বলত, পূজার সময় ঠাকুরের তেজপুঞ্জিত শরীর ও তন্মনস্ক ভাব দেখে অন্য ব্রাহ্মণেরা বলাবলি করতেন—সাক্ষাৎ ব্রহ্মণ্যদেব যেন নরশরীর পরিগ্রহ করে পূজা করতে বসেছেন!
ঠাকুরকে কাজে দক্ষ করার জন্য রামকুমারের শিক্ষাদান
দেবীভক্ত রামকুমার দক্ষিণেশ্বরে আসার পর থেকে আত্মীয়দের ভরণপোষণ সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হলেও অন্য এক বিষয়ের জন্য মধ্যে মধ্যে বড় চিন্তিত হতেন। কারণ, দেখতেন, এখানে আসার পর থেকে ছোট ভাইয়ের নির্জনপ্রিয়তা ও সংসার সম্বন্ধে কেমন একটা উদাসীন উদাসীন ভাব! সংসারে যাতে উন্নতি হবে এমন কোনো কাজেই যেন তাঁর আঁট দেখতে পেতেন না। দেখতেন, বালক সকাল সন্ধ্যা যখন তখন একা মন্দির থেকে দূরে গঙ্গাতীরে পায়চারি করছে, পঞ্চবটীমূলে স্থির হয়ে বসে আছে, অথবা পঞ্চবটীর চারদিকে তখন যে জঙ্গলভরা জায়গা ছিল তার মধ্যে ঢুকে অনেকক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে আসছে। রামকুমার প্রথম প্রথম ভাবতেন, বালক বোধ হয় কামারপুকুরে মায়ের কাছে ফেরার জন্য উতলা হয়েছে এবং সে কথা সদা সর্বদা চিন্তা করছে। কিন্তু দিনের পর দিন গেলেও সে যখন বাড়ি ফেরার কথা তাঁকে মুখ ফুটে বলল না, এবং কখনও কখনও তাকে সে কথা জিজ্ঞাসা করেও তিনি যখন নিজের অনুমান সত্য বলে বুঝতে পারলেন না, তখন তাকে বাড়িতে ফেরত পাঠানোর কথা ছেড়ে দিলেন। ভাবলেন, তাঁর বয়স হয়েছে, শরীরও দিন দিন অপটু হয়ে পড়ছে, কবে পরমায়ু ফুরোবে কে বলতে পারে? —এ অবস্থায় আর সময় নষ্ট না করে, তাঁর অবর্তমানে বালক যাতে নিজের পায়ের উপর দাঁড়িয়ে দু’পয়সা উপার্জন করে সংসার চালাতে পারে এমনভাবে তাকে মানুষ করে দিয়ে যাওয়া একান্ত কর্তব্য। সুতরাং মথুরবাবু যখন বালককে দেবালয়ে নিযুক্ত করার অভিপ্রায়ে রামকুমারকে জিজ্ঞাসা করলেন, তখন রামকুমার বিশেষ আনন্দিত হলেন এবং তার কিছুকাল পরে যখন বালক মথুরবাবুর অনুরোধে প্রথমে বেশকারীর ও পরে পূজকের পদে ব্রতী হল এবং দক্ষতার সঙ্গে সেই কাজগুলি করতে লাগল, তখন তিনি অনেকটা নিশ্চিন্ত হয়ে এবার তাকে চণ্ডীপাঠ, শ্রীশ্রীকালিকামাতা এবং অন্যান্য দেবদেবীর পূজা প্রভৃতি শেখাতে লাগলেন। ঠাকুর এভাবে দশকর্মান্বিত ব্রাহ্মণদের যা শেখা কর্তব্য, তা অচিরে শিখে নিলেন; এবং শাক্তী দীক্ষা না নিয়ে দেবীপূজা উচিত নয় শুনে শক্তিমন্ত্রে দীক্ষিত হওয়ার সংকল্প স্থির করলেন।
কেনারাম ভট্টাচার্যের কাছে ঠাকুরের শাক্তীদীক্ষা–গ্রহণ
শ্রীযুক্ত কেনারাম ভট্টাচার্য নামে একজন প্রবীণ শক্তিসাধক তখন কলিকাতার বৈঠকখানা বাজারে বাস করতেন। দক্ষিণেশ্বরে রাণী রাসমণির দেবালয়ে তাঁর যাতায়াত ছিল এবং মথুরবাবু-প্রমুখ সকলের সঙ্গে তাঁর পরিচয়ও ছিল বলে বোধ হয়। হৃদয়ের মুখে শুনেছি, যাঁরা তাঁকে চিনতেন, অনুরাগী সাধক বলে তাঁরা তাঁকে বিশেষ সম্মান দেখাতেন। ঠাকুরের অগ্রজ রামকুমার ভট্টাচার্যের সঙ্গে ইনি আগে থেকে পরিচিত ছিলেন। ঠাকুর এঁর কাছে দীক্ষাগ্রহণ করতে মনস্থ করলেন। শুনেছি, দীক্ষাগ্রহণ করামাত্র ঠাকুর ভাবাবেশে সমাধিস্থ হয়েছিলেন, এবং শ্রীযুক্ত কেনারাম তাঁর অসাধারণ ভক্তি দেখে মুগ্ধ হয়ে তাঁকে ইষ্টলাভের জন্য প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন।
রামকুমারের মৃত্যু
রামকুমারের শরীর তখন থেকে অপটু হয়ে পড়ছিল বলেই হোক, অথবা ঠাকুরকে ওই কাজে অভ্যস্ত করানোর জন্যই হোক, তিনি এই সময়ে স্বল্পায়াসসাধ্য ৺রাধাগোবিন্দজীর সেবা নিজে করতে এবং শ্রীশ্রীকালীমাতার পূজার কাজে ঠাকুরকে নিযুক্ত করতে লাগলেন। মথুরবাবু সে কথা শুনে এবং ঠাকুর এখন ৺দেবীপূজায় পারদর্শী হয়েছেন জেনে রামকুমারকে এখন থেকে বরাবর বিষ্ণুঘরে পূজা করতে অনুরোধ করলেন। অতএব তখন থেকে কালীঘরে ঠাকুর পূজকরূপে নিযুক্ত রইলেন। বৃদ্ধ রামকুমারের শরীর অপটু হওয়ায় কালীঘরের গুরুতর কার্যভার বহন করা তাঁর শক্তিতে কুলোচ্ছে না—এ কথা বুঝেই মথুরবাবু এভাবে পূজক পরিবর্তন করেছিলেন। রামকুমারও এই বন্দোবস্তে বিশেষ আনন্দিত হয়ে ছোট ভাইকে ৺দেবীর পূজা ও সেবাকার্য যথাযথভাবে সম্পন্ন করতে শিখিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। এর কিছুকাল পরে তিনি মথুরবাবুকে বলে হৃদয়কে ৺রাধাগোবিন্দজীর পূজায় নিযুক্ত করলেন এবং ছুটি নিয়ে কিছুদিনের জন্য বাড়ি ফেরার জোগাড় করতে লাগলেন। কিন্তু রামকুমারকে আর বাড়ি ফিরতে হয়নি। বাড়ি ফেরার বন্দোবস্ত করতে করতে কলিকাতার উত্তরে অবস্থিত শ্যামনগর-মূলাজোড় নামে এক জায়গায় তাঁকে কয়েক দিনের জন্য কাজ উপলক্ষে যেতে হল এবং সেখানে তিনি সহসা মারা গেলেন। রামকুমার ভট্টাচার্য রাণী রাসমণির দেবালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে এক বছর মাত্র জীবিত থেকে শ্রীশ্রীজগন্মাতার পূজা করেছিলেন। সম্ভবত সন ১২৬৩ সালের প্রারম্ভে তাঁর শরীরত্যাগ হয়েছিল।
[1] কেউ কেউ বলেন, এই ঘটনা ঠাকুরের পূজাকালে হয়েছিল এবং মথুর মূর্তিটি রাণী রাসমণিকে দেখিয়ে বলেছিলেন – “যেমন উপযুক্ত পূজক পেয়েছি, তাতে ৺দেবী শীঘ্রই জাগ্রতা হয়ে উঠবেন।”
[2] স্বামী নিরঞ্জনানন্দ।
[3] এই ঘটনার বিস্তারিত বিবরণের জন্য ‘গুরুভাব, পূর্বার্ধ’ – ষষ্ঠ অধ্যায় দ্রষ্টব্য।
ঠাকুরের এই সময়ের আচরণ
অতি অল্প বয়সেই ঠাকুরের পিতার মৃত্যু হয়। সুতরাং বাল্যকাল থেকে তিনি জননী চন্দ্রমণি ও অগ্রজ রামকুমারের স্নেহেই পালিত হয়েছিলেন। ঠাকুরের চেয়ে রামকুমার একত্রিশ বছরের বড় ছিলেন। তাই ঠাকুরের পিতৃভক্তির কিছু অংশ তিনি পেয়েছিলেন বলে বোধ হয়। পিতৃতুল্য অগ্রজের সহসা মৃত্যু হওয়ায় ঠাকুর নিতান্ত ব্যথিত হয়েছিলেন। কে বলবে, এই ঘটনা তাঁর শুদ্ধ মনে সংসারের অনিত্যতা সম্বন্ধে ধারণা দৃঢ় করে তাতে বৈরাগ্যানল কতটা প্রবুদ্ধ করেছিল? দেখা যায়, এই সময় থেকে তিনি শ্রীশ্রীজগন্মাতার পূজায় সমধিক মনোনিবেশ করেছিলেন এবং তাঁর দর্শনলাভে মানুষ বাস্তবিক কৃতার্থ হয় কি না, তা জানার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। এই সময়ে পূজার পর মন্দিরের মধ্যে শ্রীশ্রীজগন্মাতার কাছে বসে তিনি তন্মনস্কভাবে দিন কাটাতেন এবং রামপ্রসাদ ও কমলাকান্ত-প্রমুখ ভক্তদের রচিত সংগীতগুলি ৺দেবীকে শোনাতে শোনাতে প্রেমে বিহ্বল ও আত্মহারা হয়ে পড়তেন। বৃথা কথাবার্তা বলে তিনি এখন তিলমাত্র সময় অপব্যয় করতেন না এবং রাতে মন্দিরদ্বার রুদ্ধ হলে লোকসঙ্গ পরিহার করে পঞ্চবটীর পাশের জঙ্গলের মধ্যে ঢুকে জগন্মাতার ধ্যানে কালযাপন করতেন।
তা দেখে হৃদয়ের চিন্তা ও সংকল্প
ঠাকুরের এইরকম আচরণ হৃদয়ের ভালো লাগত না। কিন্তু সে কী করবে? বাল্যকাল থেকে তিনি যখন যা ধরেছেন, তখনই তা করেছেন, কেউই তাঁকে বাধা দিতে পারেনি—এ কথা তার অজানা ছিল না। সুতরাং প্রতিবাদ বা বাধা দেওয়া বৃথা। কিন্তু ঠাকুরের সেই ভাব দিন দিন প্রবল হচ্ছে দেখে হৃদয় কখনও কখনও একটু আধটু না বলেও থাকতে পারত না। রাতে না ঘুমিয়ে বিছানা ছেড়ে উঠে তিনি পঞ্চবটীতে চলে যান, এ কথা জানতে পেরে হৃদয় এই সময়ে বিশেষ চিন্তিত হয়ে পড়েছিল। কারণ, মন্দিরে ঠাকুরসেবার পরিশ্রম তো ছিলই, তার উপর তাঁর আগের মতো খাওয়াও ছিল না; এ অবস্থায় রাতে না ঘুমোলে শরীর ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। হৃদয় স্থির করল, ব্যাপারটার সন্ধান নিতে হবে এবং যথাসাধ্য প্রতিবিধান করতে হবে।
সেই সময়ে পঞ্চবটী অঞ্চলের অবস্থা
পঞ্চবটীর পাশের জায়গা তখন এখনকার মতো সমতল ছিল না; নিচু জমি, খানাখন্দ ও জঙ্গলে ভরা ছিল। বুনো গাছগাছড়ার মধ্যে একটি ধাত্রী বা আমলকী গাছ সেখানে জন্মেছিল। একে কবরডাঙা, তার উপর জঙ্গল, সেজন্য দিনের বেলাতেও কেউ সে জায়গায় বড় একটা যেত না। গেলেও জঙ্গলের মধ্যে ঢুকত না। আর রাতে? ভূতের ভয়ে কেউ ওদিক মাড়াত না। হৃদয়ের মুখে শুনেছি, সেই আমলকী গাছটি নিচু জমিতে থাকায় তার তলায় কেউ বসে থাকলে জঙ্গলের বাইরের উঁচু জমি থেকে কারও চোখে পড়ত না। ঠাকুর এই সময়ে রাতে সেই গাছেরই তলায় বসে ধ্যানধারণা করতেন।
হৃদয়ের প্রশ্ন,—‘রাতে জঙ্গলে গিয়ে কী করো?’
রাতে ঠাকুর সেখানে যেতে আরম্ভ করার পর হৃদয় একদিন অলক্ষ্যে তাঁর পিছন পিছন চলল এবং তাঁকে জঙ্গলের মধ্যে ঢুকতে দেখতে পেল। তিনি বিরক্ত হবেন ভেবে সে আর এগোল না। কিন্তু তাঁকে ভয় দেখানোর জন্য কিছুক্ষণ ধরে আশেপাশে ঢিল ছুড়তে লাগল। তিনি তাতেও ফিরলেন না দেখে অগত্যা সে নিজেই ঘরে ফিরল। পরদিন অবসর সময়ে সে তাঁকে জিজ্ঞাসা করল, “জঙ্গলের ভিতর রাতে গিয়ে কী করো বলো দেখি?” ঠাকুর বললেন, “ওখানে একটা আমলকী গাছ আছে, তার তলায় বসে ধ্যান করি; শাস্ত্রে বলে, আমলকী গাছের তলায় যে যা কামনা করে ধ্যান করে, তার তা-ই সিদ্ধ হয়।”
ঠাকুরকে হৃদয়ের ভয় দেখানোর চেষ্টা
এই ঘটনার পরে কয়েক দিন ঠাকুর সেই আমলকী গাছের তলায় ধ্যানধারণা করতে বসলেই মধ্যে মধ্যে ঢিলপাটকেল এসে পড়ার মতো নানা উৎপাত হতে লাগল। এসব হৃদয়ের কাজ বুঝেও তিনি তাকে কিছুই বললেন না।
হৃদয়কে ঠাকুরের বলা—‘পাশমুক্ত হয়ে ধ্যান করতে হয়’
হৃদয় কিন্তু ভয় দেখিয়ে তাঁকে থামাতে না পেরে আর স্থির থাকতে পারল না। একদিন ঠাকুর গাছতলায় যাওয়ার কিছুক্ষণ পরে সে নিঃশব্দে জঙ্গলের মধ্যে ঢুকে দূর থেকে দেখল, তিনি পরনের কাপড় ও যজ্ঞসূত্র ত্যাগ করে সুখাসীন হয়ে ধ্যানে নিমগ্ন রয়েছেন। দেখে ভাবল, ‘মামা কি পাগল হল নাকি? এরকম তো পাগলেই করে; ধ্যান করবে, করো; কিন্তু এরকম উলঙ্গ হয়ে কেন?’ এই ভেবে সে সহসা তাঁর কাছে গিয়ে উপস্থিত হল এবং তাঁকে ডেকে বলতে লাগল, “এ কী হচ্ছে? পৈতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে?” কয়েকবার ডাকাডাকির পরে ঠাকুরের চৈতন্য হল এবং হৃদয়কে কাছে দাঁড়িয়ে এমন প্রশ্ন করতে শুনে বললেন, “তুই কী জানিস? এভাবে পাশমুক্ত হয়ে ধ্যান করতে হয়; জন্মাবধি মানুষ ঘৃণা, লজ্জা, কুল, শীল, ভয়, মান, জাতি ও অভিমান—এই অষ্ট পাশে বদ্ধ হয়ে রয়েছে; পৈতেগাছটাও ‘আমি ব্রাহ্মণ, সকলের চেয়ে বড়’—এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ; মাকে ডাকতে হলে ঐসব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয়, তাই ঐসব খুলে রেখেছি, ধ্যান করা শেষ হলে ফেরার সময় আবার পরব।” হৃদয় এমন কথা আগে আর কখনও শোনেনি, তাই অবাক হয়ে রইল এবং উত্তরে কিছুই বলতে না পেরে সেখান থেকে চলে গেল। আগে সে ভেবেছিল, মামাকে আজ অনেক কথা বুঝিয়ে বলবে ও তিরস্কার করবে—তার কিছুই করা হল না।
শরীর ও মন উভয়ের দ্বারা ঠাকুরের জাত্যভিমাননাশের, ‘সমলোষ্ট্রাশ্মকাঞ্চন’ হওয়ার এবং সর্বজীবে শিবজ্ঞানলাভের জন্য অনুষ্ঠান
সেই ঘটনাপ্রসঙ্গে একটি কথা এখানে বলে রাখা ভালো। কারণ, তা জানা থাকলে ঠাকুরের জীবনের পরবর্তী অনেকগুলি ঘটনা আমরা সহজে বুঝতে পারব। আমরা দেখলাম, অষ্টপাশের হাত থেকে মুক্ত হওয়ার জন্য কেবলমাত্র মনে মনে সেগুলি ত্যাগ করেই ঠাকুর নিশ্চিন্ত হতে পারেননি; স্থূলভাবেও সেগুলি যতদূর ত্যাগ করা যেতে পারে, তা করেছিলেন। পরবর্তী জীবনে অন্য সব বিষয়েও তাঁকে সেইরকমই করতে আমরা দেখতে পাই। যেমন –
অভিমান নাশ করে মনে যথার্থ দীনতা আনার জন্য, অন্যেরা যে স্থানকে অশুদ্ধ ভেবে একেবারে পরিহার করে, সেই স্থান তিনি বহু প্রযত্নে স্বহস্তে পরিষ্কার করেছিলেন।
‘সমলোষ্ট্রাশ্মকাঞ্চন’ না হলে অর্থাৎ সাধারণ মানুষের কাছে বহুমূল্য বলে পরিগণিত স্বর্ণাদি ধাতু ও পাথরকে উপলখণ্ডের মতো তুচ্ছ জ্ঞান করতে না পারলে, মানবমন শারীরিক ভোগসুখেচ্ছা থেকে নিজেকে বিযুক্ত করে ঈশ্বরাভিমুখে সম্পূর্ণ ধাবিত হয় না এবং যোগারূঢ় হতে পারে না—এ কথা শুনেই ঠাকুর কয়েকটি মুদ্রা ও মাটির ঢেলা হাতে নিয়ে বারংবার ‘টাকা মাটি, মাটি টাকা’ বলতে বলতে সেগুলি গঙ্গাগর্ভে ফেলে দিয়েছিলেন।
সর্বজীবে শিবজ্ঞান দৃঢ় করার জন্য কালীবাড়িতে কাঙালিদের ভোজন সাঙ্গ হলে তাদের উচ্ছিষ্টান্ন তিনি দেবতার প্রসাদজ্ঞানে গ্রহণ (ভক্ষণ) ও মস্তকে ধারণ করেছিলেন। পরে, উচ্ছিষ্ট পাতা প্রভৃতি মাথায় বয়ে গঙ্গাতীরে ফেলে দিয়ে স্বহস্তে ঝাঁটা ধরে সেই স্থান ধুয়েছিলেন এবং নিজের নশ্বর শরীর দিয়ে এভাবে দেবসেবা যৎকিঞ্চিৎ হল ভেবে নিজেকে কৃতার্থম্মন্য জ্ঞান করেছিলেন।
ঠাকুরের ত্যাগের ক্রম
এইরকম নানা ঘটনার উল্লেখ করা যেতে পারে। সব ক্ষেত্রেই দেখা যায়, ঈশ্বরলাভের পথে প্রতিকূল বিষয়গুলি কেবলমাত্র মনে মনে ত্যাগ করে তিনি নিশ্চিন্ত থাকতেন না। বরং স্থূলভাবে সেগুলি প্রথমে ত্যাগ করে অথবা নিজের শরীর ও ইন্দ্রিয়বর্গকে ওইসব বিষয় থেকে যথাসম্ভব দূরে রেখে তিনি জোর করে শরীর-ইন্দ্রিয়কে সেসবের বিপরীত অনুষ্ঠানে নিয়োজিত করতেন। দেখা যায়, এই ধরনের অনুষ্ঠানে তাঁর মনের পূর্ব সংস্কারগুলি একেবারে উৎসন্ন হয়ে যেত এবং তার বিপরীত নবীন সংস্কারগুলিকে মন এমন দৃঢ়ভাবে ধারণ করত যে, কখনোই সে আর অন্য ভাব আশ্রয় করে কাজ করতে পারত না। এভাবে কোনো নবীন ভাব মনে প্রথম গৃহীত হয়ে শরীর-ইন্দ্রিয় প্রভৃতির সাহায্যে যতক্ষণ না কাজে সামান্যও অনুষ্ঠিত হত, ততক্ষণ পর্যন্ত সে বিষয়ের যথাযথ ধারণা হয়েছে এবং তার বিপরীত ভাব ত্যাগ করা হয়েছে, এ কথা তিনি স্বীকার করতেন না।
এই ক্রম সম্বন্ধে ‘মনঃকল্পিত সাধনপথ’ বলে আপত্তি ও তার মীমাংসা
আমরা পূর্ব সংস্কারগুলি ত্যাগ করতে নিতান্ত পরাঙ্মুখ, তাই ভাবি, ঠাকুরের এইরকম আচরণের কিছুমাত্র আবশ্যকতা ছিল না। তাঁর এই ধরনের আচরণগুলি আলোচনা করতে গিয়ে কেউ কেউ বলে বসেছেন—“অপবিত্র কদর্য স্থান পরিষ্কার করা, ‘টাকা মাটি, মাটি টাকা’ বলে মাটিসুদ্ধ মুদ্রাগুলি গঙ্গায় ফেলে দেওয়া প্রভৃতি ঘটনাবলি তাঁর নিজের মনঃকল্পিত সাধনপথ বলে বোধ হয়; কিন্তু ওইরকম অদৃষ্টপূর্ব উপায়গুলি অবলম্বন করে তিনি মনের উপর যে কর্তৃত্ব লাভ করেছিলেন, তা অতি শীঘ্রই তার চেয়ে সহজ উপায়ে পাওয়া যেতে পারে।”[1] উত্তরে বলতে হয়—উত্তম কথা, কিন্তু ওইরকম বাহ্য অনুষ্ঠানগুলি না করে তোমাদের তথাকথিত সহজ উপায়—কেবলমাত্র মনে মনে বিষয় ত্যাগ করা—অবলম্বন করে কয়জন লোক এ পর্যন্ত পূর্ণভাবে রূপরসাদি বিষয়সমূহ থেকে বিমুখ হয়ে ষোলো আনা মন ঈশ্বরে অর্পণ করতে পেরেছে? তা কখনোই হওয়ার নয়। মন একরকম চিন্তা করে একদিকে চলবে, এবং শরীর সেই চিন্তা বা ভাবের বিপরীত কার্যানুষ্ঠান করে অন্য পথে চলবে—এভাবে কোনো মহৎ কাজেই সিদ্ধিলাভ করা যায় না, ঈশ্বরলাভ তো দূরের কথা! কিন্তু রূপরসাদিভোগলোলুপ মানুষ সে কথা বোঝে না। কোনো বিষয় ত্যাগ করা ভালো বলে বুঝেও সে পূর্বসংস্কারবশে নিজের শরীর-ইন্দ্রিয় প্রভৃতি দিয়ে তা ত্যাগ করতে অগ্রসর হয় না এবং ভাবতে থাকে, ‘শরীর যেমন কাজই করুক না কেন, মনে তো আমি অন্যরকম ভাবছি!’ যোগ ও ভোগ একসঙ্গে গ্রহণ করবে ভেবে সে নিজেকে নিজে এভাবে প্রতারিত করে। কিন্তু আলো-অন্ধকারের মতো যোগ ও ভোগ-রূপ দুই পদার্থ কখনও একসঙ্গে থাকতে পারে না। কাম-কাঞ্চনময় সংসার ও ঈশ্বরের সেবা যাতে একসঙ্গে একই কালে সম্পন্ন করা যায়, এমন সহজ পথ আধ্যাত্মিক জগতে এ পর্যন্ত কেউই আবিষ্কার করতে পারেননি।[2] শাস্ত্র সেজন্য আমাদের বারংবার বলছেন, ‘যা ত্যাগ করতে হবে, তা কায়মনোবাক্যে ত্যাগ করতে হবে এবং যা গ্রহণ করতে হবে তা-ও তেমনই কায়মনোবাক্যে গ্রহণ করতে হবে, তবেই সাধক ঈশ্বরলাভের অধিকারী হবেন।’ ঋষিরা সেজন্যই বলেছেন, মানসিক ভাবোদ্দীপক শারীরিক চিহ্ন ও অনুষ্ঠানরহিত তপস্যার সাহায্যে—‘তপসো বাপ্যলিঙ্গাৎ’—মানুষ কখনও আত্মসাক্ষাৎকার লাভ করতে পারে না। যুক্তির বলে, স্থূল থেকে সূক্ষ্ম এবং সূক্ষ্ম থেকে কারণে মানবমন ক্রমশ অগ্রসর হয়—‘নান্যঃ পন্থা বিদ্যতেঽয়নায়’।
ঠাকুর এই সময়ে যেভাবে পূজাদি করতেন
আমরা বলেছি, অগ্রজের মৃত্যুর পর ঠাকুর শ্রীশ্রীজগদম্বার পূজায় আরও মনোনিবেশ করেছিলেন এবং তাঁর দর্শনলাভের জন্য যা-ই অনুকূল বলে বুঝতেন, তা-ই বিশ্বস্তচিত্তে ব্যগ্র হয়ে সম্পন্ন করতেন। তাঁর শ্রীমুখে শুনেছি, এই সময়ে যথারীতি পূজা সমাপনের পর ৺দেবীকে নিত্য রামপ্রসাদ-প্রমুখ সিদ্ধ ভক্তদের রচিত সংগীত শোনানো তিনি পূজার একটি অঙ্গ বলে গণ্য করতেন। গভীর হৃদয়োচ্ছ্বাসে ভরা সেই সব গীত গাইতে গাইতে তাঁর চিত্ত উৎসাহপূর্ণ হয়ে উঠত। ভাবতেন—রামপ্রসাদ-প্রমুখ ভক্তেরা মার দর্শন পেয়েছিলেন; জগজ্জননীর দর্শন তবে নিশ্চয়ই পাওয়া যায়; আমি কেন তবে তাঁর দর্শন পাব না? ব্যাকুলহৃদয়ে বলতেন—“মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? আমি ধন, জন, ভোগসুখ কিছুই চাহি না, আমায় দেখা দে।” এমন প্রার্থনা করতে করতে নয়নধারায় তাঁর বুক ভেসে যেত এবং এতে হৃদয়ের ভার কিঞ্চিৎ লঘু হলে তিনি বিশ্বাসের মুগ্ধ প্রেরণায় কিছুটা আশ্বস্ত হয়ে পুনরায় গীত গেয়ে ৺দেবীকে প্রসন্ন করতে উদ্যত হতেন। এভাবে পূজা, ধ্যান ও ভজনে দিন যেতে লাগল এবং ঠাকুরের মনের অনুরাগ ও ব্যাকুলতা দিন দিন বাড়তে লাগল।
এই সময় থেকে দেবীর পূজা ও সেবা সম্পন্ন করার জন্য তাঁর নির্দিষ্ট কালও দিন দিন বেড়ে যেতে লাগল। পূজা করতে বসে তিনি যথাবিধি নিজের মস্তকে একটি পুষ্প দিয়েই হয়তো দুই ঘণ্টা ধরে স্থাণুর মতো স্পন্দহীনভাবে ধ্যানস্থ রইলেন; অন্নাদি নিবেদন করে, মা খাচ্ছেন ভাবতে ভাবতেই হয়তো বহুক্ষণ কাটালেন, ভোরে স্বহস্তে ফুল তুলে মালা গেঁথে ৺দেবীকে সাজাতে কত সময় ব্যয় করলেন, অথবা অনুরাগপূর্ণ হৃদয়ে সন্ধ্যারতিতেই বহুক্ষণ ব্যাপৃত রইলেন! আবার বিকেলে জগন্মাতাকে যদি গান শোনাতে আরম্ভ করলেন, তবে এমন তন্ময় ও ভাববিহ্বল হয়ে পড়লেন যে, সময় পেরিয়ে যাচ্ছে এ কথা বারংবার মনে করিয়ে দিলেও তাঁকে দিয়ে আরাত্রিকাদি কর্ম সময়ে করানো গেল না! —এভাবে কিছুকাল পূজা চলতে লাগল।
ঠাকুরের এই সময়ের পূজাদি কাজ সম্বন্ধে মথুর প্রমুখ সকলে যা ভাবত
এমন নিষ্ঠা, ভক্তি ও ব্যাকুলতা দেখে দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির লোকজনের দৃষ্টি যে এখন ঠাকুরের প্রতি আকৃষ্ট হল, এ কথা বেশ বোঝা যায়। সাধারণ মানুষ সচরাচর যে পথে চলে, তা ছেড়ে নতুনভাবে কাউকে চলতে বা কিছু করতে দেখলে লোকে প্রথমে বিদ্রূপ-পরিহাস করে। কিন্তু দিনের পর দিন যত যেতে থাকে এবং সেই ব্যক্তি দৃঢ়তার সঙ্গে নিজের গন্তব্যপথে যত অগ্রসর হয়, ততই সাধারণের মনে আগের ভাব বদলে গিয়ে শ্রদ্ধা এসে তার স্থান অধিকার করে। ঠাকুরের এই সময়ের কার্যকলাপ সম্বন্ধে সেরকমই হয়েছিল। কিছুদিন এভাবে পূজা করতে না করতে তিনি প্রথমে অনেকের বিদ্রূপভাজন হলেন। কিছুকাল পরে কেউ কেউ আবার তাঁর প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল। শোনা যায়, মথুরবাবু এই সময়ে ঠাকুরের পূজাদি দেখে খুশিমনে রানী রাসমণিকে বলেছিলেন, “অদ্ভুত পূজক পাওয়া গেছে, ৺দেবী বোধ হয় শীঘ্রই জাগ্রতা হয়ে উঠবেন!” লোকের এসব মতামতে ঠাকুর কিন্তু কোনোদিন নিজের গন্তব্যপথ থেকে বিচলিত হননি। সাগরগামিনী নদীর মতো তাঁর মন তখন থেকে অবিরাম একভাবেই শ্রীশ্রীজগন্মাতার শ্রীপাদের উদ্দেশে ধাবিত হয়ে চলেছিল।
ঈশ্বরানুরাগের বৃদ্ধিতে ঠাকুরের শরীরে যেসব বিকার দেখা দেয়
দিনের পর দিন যত যেতে লাগল, ঠাকুরের মনে অনুরাগ, ব্যাকুলতাও তত বাড়তে লাগল এবং মনের এমন অবিরাম একদিকে গতি তাঁর শরীরে নানারকম বাহ্য লক্ষণে প্রকাশ পেতে লাগল। ঠাকুরের আহার এবং নিদ্রা কমে গেল। শরীরের রক্তপ্রবাহ বুকে ও মস্তিষ্কে নিরন্তর দ্রুত প্রধাবিত হওয়ায়, বক্ষঃস্থল সর্বদা আরক্তিম হয়ে রইল, চোখ মধ্যে মধ্যে সহসা জলে ভরে উঠতে লাগল এবং তিনি ভগবদ্দর্শনের জন্য একান্ত ব্যাকুলতায় ‘কী করব, কেমনে পাব’, এমন একটা চিন্তা নিরন্তর পোষণ করতেন বলে ধ্যানপূজাদির সময় ছাড়া অন্য সময়ে তাঁর শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব দেখা যেতে লাগল।
শ্রীশ্রীজগদম্বার প্রথম দর্শনলাভের বিবরণ—ঠাকুরের সেই সময়ের ব্যাকুলতা
তাঁর শ্রীমুখে শুনেছি, এই সময়ে একদিন তিনি জগদম্বাকে গান শোনাচ্ছিলেন এবং তাঁর দর্শনলাভের জন্য নিতান্ত ব্যাকুল হয়ে প্রার্থনা করছিলেন ও কাঁদছিলেন। বলছিলেন, “মা, এত যে ডাকছি; তার কিছুই তুই কি শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না?” তিনি বলতেন –
“মার দেখা পেলাম না বলে তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা; জলশূন্য করার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়ায়, মনে হল হৃদয়টাকে ধরে কে যেন তেমনই করছে! মার দেখা বোধ হয় কোনোকালেই পাব না ভেবে যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। অস্থির হয়ে ভাবলাম, তবে আর এ জীবনে আবশ্যক নেই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তার উপর পড়ল। এই দণ্ডেই জীবনের অবসান করব ভেবে উন্মত্তপ্রায় ছুটে সেটা ধরছি, এমন সময়ে সহসা মার অদ্ভুত দর্শন পেলাম ও সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলাম! তারপর বাইরে কী যে হয়েছে, কোন দিক দিয়ে সেদিন ও তার পরদিন যে গেছে, তার কিছুই জানতে পারিনি! অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট-বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত হচ্ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করেছিলাম!”
সেই অদ্ভুত দর্শনের কথা ঠাকুর অন্য একদিন আমাদের এভাবে বিবৃত করে বলেন, “ঘর, দ্বার, মন্দির সব যেন কোথায় লুপ্ত হল—কোথাও যেন আর কিছুই নেই! আর দেখছি কী, এক অসীম অনন্ত চেতন জ্যোতিঃ-সমুদ্র! —যেদিকে যতদূর দেখি, চারদিক থেকে তার উজ্জ্বল ঊর্মিমালা তর্জন-গর্জন করে গ্রাস করার জন্য মহাবেগে অগ্রসর হচ্ছে! দেখতে দেখতে তারা আমার উপর নিপতিত হল এবং আমাকে একেবারে কোথায় তলিয়ে দিল! হাঁপিয়ে হাবুডুবু খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলাম!” প্রথম দর্শনের সময়ে চেতন জ্যোতিঃ-সমুদ্রের দর্শনলাভের কথা তিনি আমাদের এভাবে বলেছিলেন। কিন্তু চৈতন্য-ঘন জগদম্বার বরাভয়করা মূর্তি? ঠাকুর কি তখন তাঁরও দর্শন এই জ্যোতিঃ-সমুদ্রের মধ্যে পেয়েছিলেন? পেয়েছিলেন বলেই বোধ হয়; কারণ শুনেছি, প্রথম দর্শনের সময়ে যখন তাঁর একটু সংজ্ঞা হয়েছিল, তখন তিনি কাতরকণ্ঠে ‘মা, মা’ শব্দ উচ্চারণ করেছিলেন।
সেই দর্শনের বিরাম হলে শ্রীশ্রীজগদম্বার চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শনলাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল কান্নার রোল উঠল। ক্রন্দনাদি বাহ্যলক্ষণে সব সময়ে প্রকাশ না পেলেও তা অন্তরে সর্বদা বিদ্যমান থাকত এবং কখনও কখনও এত বেড়ে উঠত যে, তিনি আর চাপতে না পেরে ভূমিতে লুটিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে ‘মা, আমায় কৃপা কর, দেখা দে’ বলে এমন কাঁদতেন যে, চারপাশে লোক দাঁড়িয়ে যেত! এইরকম অস্থির আচরণে লোকে কী বলবে, এ কথা বিন্দুমাত্রও তখন তাঁর মনে আসত না। বলতেন, “চারদিকে লোক দাঁড়িয়ে থাকলেও তাদেরকে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির মতো অবান্তর মনে হত এবং সেজন্য মনে কিছুমাত্র লজ্জা বা সংকোচ জাগত না! এমন অসহ্য যন্ত্রণায় সময়ে সময়ে বাহ্যসংজ্ঞাশূন্য হয়ে পড়তাম এবং তা হওয়ার পরেই দেখতাম, মার বরাভয়করা চিন্ময়ী মূর্তি! —দেখতাম সেই মূর্তি হাসছে, কথা বলছে, অশেষ প্রকারে সান্ত্বনা ও শিক্ষা দিচ্ছে!”
[1] ৺শিবনাথ শাস্ত্রী মহাশয়ের লিখিত – “Personal Reminiscences of Ramakrishna Paramahamsa.” Vide ‘Modern Review’ for November, 1910.
[2] Ye cannot serve God and Mammon together. – Holy Bible
প্রথম দর্শনের পরের অবস্থা
শ্রীশ্রীজগদম্বার প্রথম দর্শনলাভের আনন্দে ঠাকুর কয়েক দিনের জন্য একেবারে কাজের বার হয়ে পড়লেন। পূজাদি মন্দিরের কাজগুলি নিয়মিতভাবে সম্পন্ন করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠল। হৃদয় অন্য এক ব্রাহ্মণের সাহায্যে কোনোমতে সেগুলি সারতে লাগল এবং মামা বায়ুরোগগ্রস্ত হয়েছেন ভেবে তাঁর চিকিৎসায় মন দিল। ভূকৈলাসের রাজবাড়িতে নিযুক্ত এক সুযোগ্য বৈদ্যের সঙ্গে আগে কোনো এক সূত্রে তার পরিচয় হয়েছিল; হৃদয় এখন তাঁকে দিয়েই ঠাকুরের চিকিৎসা করাতে লাগল এবং রোগের শীঘ্র উপশমের সম্ভাবনা না দেখে কামারপুকুরে সংবাদ পাঠাল।
ঠাকুরের সেই সময়ের শারীরিক ও মানসিক প্রত্যক্ষ এবং দর্শনাদি
ভগবদ্দর্শনের জন্য উদ্দাম ব্যাকুলতায় ঠাকুর যেদিন একেবারে অস্থির বা বাহ্যজ্ঞানশূন্য হয়ে না পড়তেন, সেদিন আগের মতো পূজা করতে যেতেন। তখন পূজা ও ধ্যানাদি করার সময় তাঁর যেরকম চিন্তা ও অনুভব আসত, সে বিষয়ে তিনি আমাদের কখনো কখনো কিছু কিছু এইভাবে বলেছিলেন। “মার নাট-মন্দিরের ছাদের আলিসায় যে ধ্যানস্থ ভৈরবমূর্তি আছে, ধ্যান করতে যাবার সময় তাঁকে দেখিয়ে মনকে বলতাম, ‘ওইরকম স্থির নিস্পন্দভাবে বসে মার পাদপদ্ম চিন্তা করতে হবে।’ ধ্যান করতে বসামাত্র শুনতে পেতাম, শরীর ও অঙ্গপ্রত্যঙ্গের গ্রন্থিগুলিতে, পায়ের দিক থেকে উপরে খটখট করে শব্দ হচ্ছে এবং একটার পর একটা করে গ্রন্থিগুলি আবদ্ধ হয়ে যাচ্ছে—কে যেন ভিতরে ওই সব জায়গা তালাবদ্ধ করে দিচ্ছে। যতক্ষণ ধ্যান করতাম ততক্ষণ শরীর যে একটুও নেড়ে চেড়ে আসন বদলে নেব অথবা ইচ্ছা করলেই ধ্যান ছেড়ে অন্য কোথাও যাব বা অন্য কাজে লাগব, তার সামর্থ্য থাকত না! আগের মতো খটখট শব্দ করে—এবার উপরের দিক থেকে পা পর্যন্ত—সেই সব গ্রন্থি আবার যতক্ষণ না খুলে যেত, ততক্ষণ কে যেন একভাবে জোর করে বসিয়ে রাখত! ধ্যান করতে বসে প্রথম প্রথম খদ্যোৎপুঞ্জের মতো জ্যোতির্বিন্দু দেখতে পেতাম; কখনো বা কুয়াশার মতো পুঞ্জ পুঞ্জ জ্যোতিতে চারদিক ব্যাপ্ত দেখতাম; আবার কখনো বা গলিত রুপোর মতো উজ্জ্বল জ্যোতিঃ-তরঙ্গে সমুদয় পদার্থ পরিব্যাপ্ত দেখতাম। চোখ বুজে এইরকম দেখতাম; আবার অনেক সময় চোখ চেয়েও তেমনই দেখতে পেতাম। কী দেখছি তা বুঝতাম না, এরকম দর্শন হওয়া ভালো কি মন্দ তাও জানতাম না; সুতরাং মার (৺জগন্মাতার) কাছে ব্যাকুল হৃদয়ে প্রার্থনা করতাম—‘মা, আমার কী হচ্চে, কিছুই বুঝি না; তোকে ডাকবার মন্ত্র তন্ত্র কিছুই জানি না; যা করলে তোকে পাওয়া যায়, তুই-ই তা আমাকে শিখিয়ে দে। তুই না শিখালে কে আর আমাকে শিখাবে, মা; তুই ছাড়া আমার গতি বা সহায় আর কেহই যে নাই!’ একমনে এভাবে প্রার্থনা করতাম এবং প্রাণের ব্যাকুলতায় কাঁদতাম!”
প্রথম দর্শনলাভে ঠাকুরের প্রত্যেক আচরণে ও ভাবে কেমন পরিবর্তন দেখা দেয়
ঠাকুরের পূজাধ্যানাদি এই সময়ে এক অভিনব আকার ধারণ করেছিল। সেই অদ্ভুত তন্ময়ভাব, শ্রীশ্রীজগন্মাতাকে আশ্রয় করে সেই বালকের মতো সরল বিশ্বাস ও নির্ভরের মাধুর্যই অপরকে বোঝানো কঠিন। প্রবীণের গাম্ভীর্য, পুরুষকার অবলম্বন করে দেশকালপাত্রভেদে বিধিনিষেধ মেনে চলা অথবা ভবিষ্যৎ ভেবে সব দিক বজায় রেখে আচরণ করা ইত্যাদির কিছুই তাতে দেখা যেত না। দেখলে মনে হত, ‘মা, তোর শরণাগত বালককে যা বলতে ও করতে হবে, তা তুই-ই বলা ও করা’—সর্বান্তঃকরণে এমন ভাব আশ্রয় করে ইচ্ছাময়ীর ইচ্ছার ভিতর নিজের ক্ষুদ্র ইচ্ছা ও অভিমানকে ডুবিয়ে দিয়ে একেবারে যন্ত্রস্বরূপ হয়েই যেন তিনি যত কিছু কাজ এখন করছেন। এতে সাধারণ মানুষের বিশ্বাস ও কার্যকলাপের সঙ্গে তাঁর আচার-আচরণের বিশেষ বিরোধ দেখা দিল, এবং নানা লোকে নানা কথা প্রথমে অস্ফুট জল্পনায়, পরে উচ্চস্বরে বলতে আরম্ভ করল। কিন্তু তা হলেই বা কী হবে? জগদম্বার বালক এখন তাঁরই অপাঙ্গ-ইঙ্গিতে যা করার করে চলল, ক্ষুব্ধ সংসারের বৃথা কোলাহল তার কানে এখন কিছুমাত্র প্রবেশ করল না! সে এখন সংসারে থেকেও সংসারে ছিল না। বহির্জগৎ এখন তার কাছে স্বপ্নরাজ্যে পরিণত হল; চেষ্টা করেও তাতে সে আর আগের মতো বাস্তবতা আনতে পারল না এবং শ্রীশ্রীজগদম্বার চিন্ময়ী আনন্দঘন মূর্তিই এখন তার কাছে একমাত্র সার পদার্থ বলে প্রতীয়মান হল।
ঠাকুরের আগের ও এই সময়ের পূজা দর্শনাদির প্রভেদ
পূজাধ্যানাদি করতে বসে ঠাকুর আগে কোনো দিন দেখতেন মার হাতখানি, বা কমলোজ্জ্বল পাখানি, বা ‘সৌম্যাৎসৌম্য’ হাস্যদীপ্ত স্নিগ্ধ চন্দ্রমুখখানি—এখন পূজাধ্যানকাল ছাড়া অন্য সময়েও দেখতে পেতেন সর্বাবয়বসম্পন্না জ্যোতির্ময়ী মা হাসছেন, কথা বলছেন, ‘এটা কর্, ওটা করিস না’ বলে তাঁর সঙ্গে সঙ্গে ঘুরছেন।
আগে মাকে অন্নাদি নিবেদন করার পর দেখতেন, মার নয়ন থেকে অপূর্ব জ্যোতিঃরশ্মি লকলক করে নির্গত হয়ে নিবেদিত আহার্যসমুদয় স্পর্শ ও তার সারভাগ সংগ্রহ করে পুনরায় নয়নে সংহৃত হচ্ছে! এখন দেখতে পেতেন, ভোগ নিবেদন করে দেওয়ামাত্র এবং কখনো কখনো দেওয়ার আগেই মা শ্রীঅঙ্গের প্রভায় মন্দির আলো করে সাক্ষাৎ খেতে বসেছেন! হৃদয়ের কাছে শুনেছি, পূজার সময় একদিন সে সহসা এসে দেখে ঠাকুর জগদম্বার পাদপদ্মে জবাবিল্বার্ঘ্য দেবেন বলে তা হাতে নিয়ে তন্ময় হয়ে চিন্তা করতে করতে সহসা ‘রোস্, রোস্, আগে মন্ত্রটা বলি, তার পর খাস’, বলে চিৎকার করে উঠলেন এবং পূজা সম্পূর্ণ না করে আগেই নৈবেদ্য নিবেদন করে দিলেন।
আগে ধ্যানপূজাদির সময় দেখতেন, সামনের পাষাণময়ী মূর্তিতে এক জীবন্ত জাগ্রত অধিষ্ঠান আবির্ভূত হয়েছে—এখন মন্দিরে প্রবেশ করে পাষাণময়ীকে আর দেখতেই পেতেন না। দেখতেন, যাঁর চৈতন্যে সমগ্র জগৎ সচেতন হয়ে রয়েছে, তিনিই চিদ্ঘন মূর্তি পরিগ্রহ করে বরাভয়কর-সুশোভিতা হয়ে সেখানে সর্বদা বিরাজিতা! ঠাকুর বলতেন, “নাসিকায় হাত দিয়ে দেখেছি, মা সত্যি সত্যিই নিঃশ্বাস ফেলছেন। তন্ন-তন্ন করে দেখেও রাতে দীপালোকে মন্দিরদেউলে মার দিব্যাঙ্গের ছায়া কখনো পড়তে দেখিনি। নিজের ঘরে বসে শুনেছি, মা পাঁইজর পরে বালিকার মতো আনন্দিত হয়ে ঝমঝম শব্দ করতে করতে মন্দিরের উপরতলায় উঠছেন। দ্রুত পায়ে ঘরের বাইরে এসে দেখেছি, সত্যি সত্যিই মা মন্দিরের দোতলার বারান্দায় আলুলায়িত কেশে দাঁড়িয়ে কখনো কলিকাতা এবং কখনো গঙ্গা দর্শন করছেন।”
ঠাকুরের এই সময়ের পূজাদি সম্বন্ধে হৃদয়ের কথা
হৃদয় বলত, “ঠাকুর যখন শ্রীমন্দিরে থাকতেন তখন তো কথাই নেই, অন্য সময়েও এখন কালীঘরে ঢুকলে এক অনির্বচনীয় দিব্যাবেশ অনুভব হত, গা ‘ছমছম’ করত। পূজার সময় ঠাকুর কেমন আচরণ করেন, তা দেখার প্রলোভন ছাড়তে পারতাম না। অনেক সময় সহসা সেখানে গিয়ে যা দেখতাম, তাতে বিস্ময়ভক্তিতে অন্তর পূর্ণ হত। বাইরে এসে কিন্তু মনে সন্দেহ হত। ভাবতাম, মামা কি সত্যি সত্যিই পাগল হলেন? নইলে পূজার সময় এমন আচরণ করেন কেন? রানীমাতা ও মথুরবাবু এমন পূজার কথা জানতে পারলে কী মনে করবেন, ভেবে বিষম ভয়ও হত। মামার কিন্তু এমন কথা একবারও মনে আসত না এবং আমি বললেও তাতে কর্ণপাত করতেন না। বেশি কথাও তাঁকে এখন বলতে পারতাম না; একটা অব্যক্ত ভয় ও সংকোচ এসে মুখ চেপে ধরত এবং তাঁর ও আমার মধ্যে একটা অনির্বচনীয় দূরত্বের ব্যবধান অনুভব করতাম। অগত্যা নীরবে তাঁর যথাসাধ্য সেবা করতাম। মনে কিন্তু হত, মামা এভাবে কোনো দিন একটা কাণ্ড না বাধিয়ে বসেন!”
পূজার সময় মন্দিরের মধ্যে সহসা গিয়ে ঠাকুরের যেসব আচরণ দেখে হৃদয়ের বিস্ময়, ভয় ও ভক্তি যুগপৎ জাগত, সেসব সম্বন্ধে সে আমাদের এইভাবে বলেছিল –
“দেখতাম, জবাবিল্বার্ঘ্য সাজিয়ে মামা প্রথমে তা দিয়ে নিজের মাথা, বুক, সর্বাঙ্গ, এমনকি নিজের পা পর্যন্ত স্পর্শ করে পরে তা জগদম্বার পাদপদ্মে অর্পণ করলেন।
“দেখতাম, মাতালের মতো তাঁর বুক ও চোখ আরক্তিম হয়ে উঠেছে এবং সেই অবস্থায় টলতে টলতে পূজাসন ছেড়ে সিংহাসনের উপর উঠে সস্নেহে জগদম্বার চিবুক ধরে আদর, গান, পরিহাস বা কথোপকথন করতে লাগলেন, অথবা শ্রীমূর্তির হাত ধরে নৃত্য করতে আরম্ভ করলেন!
“দেখতাম, শ্রীশ্রীজগদম্বাকে অন্নাদি ভোগনিবেদন করতে করতে তিনি সহসা উঠে পড়লেন এবং থালা থেকে এক গ্রাস অন্নব্যঞ্জন নিয়ে দ্রুত পায়ে সিংহাসনে উঠে মার মুখে স্পর্শ করিয়ে বলতে লাগলেন—‘খা, মা খা! বেশ করে খা!’ পরে হয়তো বললেন, ‘আমি খাব? আচ্ছা, খাচ্ছি!’ —এই বলে তার কিছু অংশ নিজে খেয়ে বাকিটা আবার মার মুখে দিয়ে বলতে লাগলেন, ‘আমি তো খেয়েছি, এইবার তুই খা!’
“একদিন দেখি, ভোগনিবেদন করার সময় একটা বিড়ালকে কালীঘরে ঢুকে ম্যাও ম্যাও করে ডাকতে দেখে মামা ‘খাবি মা খাবি মা’ বলে ভোগের অন্ন তাকে খাওয়াতে লাগলেন!
“দেখতাম, রাতে এক একদিন জগন্মাতাকে শয়ন দিয়ে—‘মা মা আমাকে কাছে শুতে বলচিস—আচ্ছা, শুচ্ছি’ বলে জগন্মাতার রুপোর খাটে কিছুক্ষণ শুয়ে রইলেন।
“আবার দেখতাম, পূজা করতে বসে তিনি এমন তন্ময়ভাবে ধ্যানে নিমগ্ন হলেন যে, বহুক্ষণ তাঁর বাহ্যজ্ঞানের লেশমাত্র রইল না।
“ভোরে উঠে মা কালীর মালা গাঁথার জন্য মামা রোজ ফুল তুলতেন। দেখতাম, তখনো তিনি যেন কার সঙ্গে কথা বলছেন, হাসছেন, আদর-আবদার, রঙ্গ-পরিহাস করছেন।
“আর দেখতাম, রাতে মামার আদৌ ঘুম নেই! যখনই জেগেছি, তখনই দেখেছি তিনি ওইভাবে ভাবের ঘোরে কথা বলছেন, গান করছেন বা পঞ্চবটীতে গিয়ে ধ্যানে নিমগ্ন রয়েছেন।”
ঠাকুরের রাগাত্মিকা পূজা দেখে কালীবাড়ির খাজাঞ্চি-প্রমুখ কর্মচারীদের জল্পনা ও মথুরবাবুর কাছে সংবাদপ্রেরণ
হৃদয় বলত, ঠাকুরকে এরকম করতে দেখে মনে আশঙ্কা হলেও তা অন্যের কাছে প্রকাশ করে কী করা কর্তব্য, সে বিষয়ে পরামর্শ নেওয়ার উপায় তার ছিল না। কারণ, পাছে সেই লোক তা দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির উচ্চপদস্থ কর্মচারীদের কাছে প্রকাশ করে এবং তারা শুনে সে কথা বাবুদের কানে তুলে তার মামার অনিষ্ট করে। কিন্তু প্রতিদিন যখন এরকম হতে লাগল, তখন সে কথা আর কী করে চাপা দেওয়া যাবে? অন্য কেউ কেউ তার মতো পূজার সময় কালীঘরে এসে ঠাকুরের এইরকম আচরণ স্বচক্ষে দেখে গিয়ে খাজাঞ্চি-প্রমুখ কর্মচারীদের কাছে অভিযোগ করল। তারা সে কথা শুনে কালীঘরে এসে স্বচক্ষে তা প্রত্যক্ষ করল; কিন্তু ঠাকুরের দেবতাবিষ্টের মতো চেহারা, অসংকোচ ব্যবহার ও নির্ভীক উন্মনাভাব দেখে একটা অনির্দিষ্ট ভয়ে সংকুচিত হয়ে সহজে তাঁকে কিছু বলতে বা নিষেধ করতে পারল না। দপ্তরখানায় ফিরে এসে সকলে পরামর্শ করে ঠিক করল—হয় ভট্টাচার্য পাগল হয়েছেন, নয়তো তাঁর উপর উপদেবতার আবেশ হয়েছে! নইলে পূজার সময় কেউ কখনো এমন শাস্ত্রবিরুদ্ধ স্বেচ্ছাচার করতে পারে না; যা-ই হোক, ৺দেবীর পূজা, ভোগরাগাদি কিছুই হচ্ছে না; তিনি সব নষ্ট করেছেন; বাবুদের কাছে এ বিষয়ে সংবাদ পাঠানো কর্তব্য।
মথুরবাবুর কাছে সংবাদ পাঠানো হল। উত্তরে তিনি বলে পাঠালেন, তিনি শীঘ্রই স্বয়ং এসে এ বিষয়ে যথাবিধান ব্যবস্থা করবেন। যতদিন তা না করছেন, ততদিন ভট্টাচার্য মহাশয় যেভাবে পূজাদি করছেন, সেভাবেই করুন; তাতে কেউ বাধা দেবে না। মথুরবাবুর এইরকম চিঠি পেয়ে সকলে তাঁর আসার অপেক্ষায় উদ্গ্রীব হয়ে রইল এবং ‘এইবারেই ভট্টাচার্য পদচ্যুত হল, বাবু এসেই তাঁকে দূর করবেন—দেবতার কাছে অপরাধ, দেবতা কতদিন সইবে বল’, ইত্যাদি নানা জল্পনা তাদের মধ্যে চলতে লাগল।
ঠাকুরের পূজা দেখতে মথুরবাবুর আগমন ও সে বিষয়ে ধারণা
মথুরবাবু কাউকে কিছু না জানিয়ে একদিন পূজার সময় সহসা এসে কালীঘরে ঢুকলেন এবং অনেকক্ষণ ধরে ঠাকুরের কার্যকলাপ দেখতে লাগলেন। ভাববিভোর ঠাকুর কিন্তু তাঁকে আদৌ লক্ষ করলেন না। পূজার সময় মাকে নিয়েই তিনি নিত্য তন্ময় হয়ে থাকতেন, মন্দিরে কে আসছে, যাচ্ছে, সে জ্ঞান তাঁর আদৌ থাকত না। শ্রীযুক্ত মথুরামোহন এসেই এ বিষয়টি বুঝতে পারলেন। পরে শ্রীশ্রীজগন্মাতার কাছে তাঁর বালকের মতো আবদার, অনুরোধ প্রভৃতি দেখে তা যে ঐকান্তিক প্রেমভক্তি-প্রসূত, তাও বুঝলেন। তাঁর মনে হল, এমন অকপট ভক্তিবিশ্বাসে যদি মাকে না পাওয়া যায় তো কিসে তাঁর দর্শনলাভ হবে? পূজা করতে করতে ভট্টাচার্যের কখনো গলদশ্রুধারা, কখনো অকপট উদ্দাম উল্লাস এবং কখনো বা জড়ের মতো সংজ্ঞাশূন্যতা, অবিচলতা ও বাহ্যবিষয়ে সম্পূর্ণ লক্ষ্যরাহিত্য দেখে তাঁর চিত্ত একটা অপূর্ব আনন্দে পূর্ণ হল। তিনি অনুভব করতে লাগলেন, শ্রীমন্দির দেবপ্রকাশে যথার্থই জমজম করছে! তাঁর স্থির বিশ্বাস হল, ভট্টাচার্য জগন্মাতার কৃপালাভে ধন্য হয়েছেন। তারপর ভক্তিপূতচিত্তে সজলনয়নে শ্রীশ্রীজগন্মাতা ও তাঁর অপূর্ব পূজককে দূর থেকে বারংবার প্রণাম করতে করতে বলতে লাগলেন, “এতদিন পরে ৺দেবীপ্রতিষ্ঠা সার্থক হল, এতদিন পরে শ্রীশ্রীজগন্মাতা সত্যি সত্যিই এখানে আবির্ভূতা হলেন, এতদিনে মার পূজা ঠিক ঠিক সম্পন্ন হল।” কর্মচারীদের কাউকে কিছু না বলে তিনি সেদিন বাড়ি ফিরলেন। পরদিন মন্দিরের প্রধান কর্মচারীর কাছে তাঁর আদেশ এল, ‘ভট্টাচার্য মহাশয় যেভাবেই পূজা করুন না কেন, তাঁকে বাধা দেবে না।’[1]
প্রবল ঈশ্বরপ্রেমে ঠাকুরের রাগাত্মিকা ভক্তিলাভ—সেই ভক্তির ফল
এই ঘটনাবলি শুনে শাস্ত্রজ্ঞ পাঠক এ কথা সহজেই বুঝতে পারবেন যে, বৈধী ভক্তির বিধিবদ্ধ সীমা অতিক্রম করে ঠাকুরের মন তখন অহেতুক প্রেমভক্তির উচ্চমার্গে প্রবলবেগে ধাবিত হয়েছিল। এমন সরল স্বাভাবিকভাবে সেই ঘটনা ঘটেছিল যে, অপরের কথা দূরে থাকুক, তিনি নিজেও তা তখনো হৃদয়ঙ্গম করতে পারেননি। কেবল বুঝেছিলেন যে, জগন্মাতার প্রতি ভালোবাসার প্রবল প্রেরণায় তিনি এইরকম আচরণ না করে থাকতে পারছেন না—কে যেন তাঁকে জোর করে তা করাচ্ছে! সেজন্য দেখা যায়, মধ্যে মধ্যে তাঁর মনে হচ্ছে, ‘আমার এ কীরকম অবস্থা হচ্ছে? আমি ঠিক পথে চলছি তো?’ সেজন্য দেখা যায়, তিনি ব্যাকুল হৃদয়ে শ্রীশ্রীজগদম্বাকে জানাচ্ছেন—‘মা, আমার এমন অবস্থা কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তুই আমাকে যা করবার করিয়ে ও যা শেখাবার শিখিয়ে দেখা দে! সর্বদা আমার হাত ধরে থাক!’ কাম, কাঞ্চন, মান, যশ, পৃথিবীর সমস্ত ভোগৈশ্বর্য থেকে মন ফিরিয়ে অন্তরের অন্তর থেকে তিনি জগন্মাতাকে এ কথা নিবেদন করেছিলেন। শ্রীশ্রীজগন্মাতাও তাঁর হাত ধরে সর্ববিষয়ে তাঁকে রক্ষা করে তাঁর প্রার্থনা পূরণ করেছিলেন এবং তাঁর সাধকজীবনের পরিপুষ্টি ও পূর্ণতার জন্য যখনই যা কিছু ও যেরকম লোকের প্রয়োজন হয়েছিল, তখনই সেই সব বস্তু ও ব্যক্তিকে অযাচিতভাবে তাঁর কাছে এনে তাঁকে শুদ্ধ জ্ঞান ও শুদ্ধা ভক্তির চরম সীমায় স্বাভাবিক সহজভাবে আরূঢ় করিয়েছিলেন। গীতামুখে শ্রীভগবান ভক্তের কাছে প্রতিজ্ঞা করেছেন –
অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে।
তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্॥
– গীতা, ৯।২২
– যে-সব ব্যক্তি অনন্যচিত্তে উপাসনা করে আমার সঙ্গে নিত্যযুক্ত হয়ে থাকে—শরীরধারণের উপযোগী আহার-বিহারাদি বিষয়ের জন্যও চিন্তা না করে সম্পূর্ণ মন আমাতে অর্পণ করে—প্রয়োজনীয় সকল বিষয়ই আমি (অযাচিত হয়েও) তাদের কাছে এনে দিই। গীতার সেই প্রতিজ্ঞা ঠাকুরের জীবনে কেমন বর্ণে বর্ণে সফল হয়েছিল, তা আমরা ঠাকুরের এই সময়ের জীবন যত আলোচনা করব তত সম্যক হৃদয়ঙ্গম করে বিস্মিত ও স্তম্ভিত হব। কামকাঞ্চনই যার একমাত্র লক্ষ্য, সেই স্বার্থপর বর্তমান যুগে শ্রীভগবানের এই প্রতিজ্ঞার সত্যতা সুস্পষ্টভাবে আবার প্রমাণ করার প্রয়োজন হয়েছিল। যুগে যুগে সাধকেরা ‘সব ছোড়ে সব পাওয়ে’—শ্রীভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করলে প্রয়োজনীয় কোনো বিষয়ের জন্য সাধককে অভাবগ্রস্ত হয়ে কষ্ট পেতে হয় না—এ কথা মানবকে উপদেশ দিয়ে এলেও দুর্বলহৃদয় বিষয়াবদ্ধ মানব বর্তমান যুগে আবার তা পূর্ণভাবে না দেখে বিশ্বাস করতে পারছিল না। সেজন্য সম্পূর্ণভাবে অনন্যচিত্ত ঠাকুরকে নিয়ে শ্রীশ্রীজগন্মাতার শাস্ত্রীয় সেই বাক্যের সফলতা মানবকে দেখাবার এই অদ্ভুত লীলাভিনয়! হে মানব, পূতচিত্তে এ কথা শ্রবণ করে ত্যাগের পথে যথাসাধ্য অগ্রসর হও।
ঠাকুরের কথা—রাগাত্মিকা বা রাগানুগা ভক্তির পূর্ণপ্রভাব কেবল অবতারপুরুষদের শরীর–মন ধারণ করতে সমর্থ
ঠাকুর বলতেন, ঈশ্বরীয় ভাবের প্রবল বন্যা যখন অতর্কিতভাবে মানবজীবনে এসে পড়ে, তখন তাকে চেপে রাখার সহস্র চেষ্টা করলেও সফল হওয়া যায় না। সাধারণ মানুষের জড় দেহ তার প্রবল বেগ ধারণ করতে না পেরে একেবারে ভেঙেচুরে যায়। এভাবে অনেক সাধক মৃত্যুমুখে পতিত হয়েছেন। পূর্ণ জ্ঞান বা পূর্ণা ভক্তির উদ্দাম বেগ ধারণ করার উপযোগী শরীরের প্রয়োজন। এ পর্যন্ত দেখা গেছে যে, কেবলমাত্র অবতারপ্রথিত মহাপুরুষদের শরীরই তার পূর্ণ বেগ সর্বক্ষণ ধারণ করে সংসারে জীবিত থাকে। ভক্তিশাস্ত্র সেজন্য তাঁদের শুদ্ধসত্ত্ববিগ্রহবান বলে বারংবার অভিহিত করেছেন। শুদ্ধসত্ত্বগুণরূপ উপাদানে গঠিত শরীর ধারণ করে সংসারে আসেন বলেই তাঁরা আধ্যাত্মিক ভাবগুলির পূর্ণবেগ সহ্য করতে পারেন। এমন শরীর ধারণ করেও সেই ভাবগুলির প্রবল বেগে তাঁদের অনেক সময় মুহ্যমান হতে দেখা যায়, বিশেষত ভক্তিমার্গ-সঞ্চরণশীল অবতারপুরুষদের। ভাব-ভক্তির প্রাবল্যে ঈশা ও শ্রীচৈতন্যের শরীরের অঙ্গগ্রন্থিগুলি শিথিল হওয়া, ঘর্মের মতো শরীরের প্রতি রোমকূপ দিয়ে বিন্দু বিন্দু করে শোণিত নির্গত হওয়া প্রভৃতি শাস্ত্রনিবদ্ধ কথায় তা বোঝা যায়। সেই সব শারীরিক বিকার ক্লেশকর বলে মনে হলেও সেগুলির সাহায্যেই তাঁদের শরীর ভক্তিপ্রসূত অসাধারণ মানসিক বেগ ধারণ করতে অভ্যস্ত হয়ে আসে। পরে, সেই বেগ ধারণ করতে শরীর ক্রমে যত অভ্যস্ত হয়, ওই বিকৃতিগুলিও তত আর তাতে আগের মতো পরিলক্ষিত হয় না।
সেই ভক্তিপ্রভাবে ঠাকুরের শারীরিক বিকার ও তার ফলে কষ্ট, যেমন গাত্রদাহ—প্রথম গাত্রদাহ, পাপপুরুষ দগ্ধ হওয়ার কালে; দ্বিতীয়, প্রথম দর্শনলাভের পর ঈশ্বরবিরহে; তৃতীয় মধুরভাব–সাধনকালে
ভাব-ভক্তির প্রবল প্রেরণায় ঠাকুরের শরীরে তখন থেকে নানারকম অদ্ভুত বিকারপরম্পরা দেখা দিয়েছিল। সাধনার শুরু থেকে তাঁর গাত্রদাহের কথা আমরা ইতিপূর্বে বলেছি। তা বেড়ে যাওয়ায় তাঁকে অনেক সময় বিশেষ কষ্ট পেতে হয়েছিল। ঠাকুর স্বয়ং আমাদের কাছে অনেক সময় তার কারণ এইভাবে বলেছেন—“সন্ধ্যা-পূজাদি করার সময় শাস্ত্রীয় বিধান অনুসারে যখন ভিতরের পাপপুরুষ দগ্ধ হয়ে গেল এই চিন্তা করতাম, তখন কে জানত, শরীরে সত্যি সত্যিই পাপপুরুষ আছে এবং তাকে বাস্তবিক দগ্ধ ও বিনষ্ট করা যায়! সাধনার শুরু থেকে গাত্রদাহ দেখা দিল; ভাবলাম, এ আবার কী রোগ হল! ক্রমে তা খুব বেড়ে অসহ্য হয়ে উঠল। নানা কবিরাজি তেল মাখা হল; কিন্তু কিছুতেই তা কমল না। পরে একদিন পঞ্চবটীতে বসে আছি, সহসা দেখি কী মিশকালো রং, আরক্তলোচন, ভীষণাকার একটা পুরুষ যেন মদ খেয়ে টলতে টলতে (নিজের শরীর দেখিয়ে) এর ভিতর থেকে বেরিয়ে সামনে ঘুরে বেড়াতে লাগল। পরক্ষণে দেখি কী—আর একজন সৌম্যমূর্তি পুরুষ গৈরিক ও ত্রিশূল ধারণ করে সেইভাবে (শরীরের) ভিতর থেকে বেরিয়ে ওই ভীষণাকার পুরুষকে সবলে আক্রমণ করে নিহত করল এবং সেদিন থেকে গাত্রদাহ কমে গেল! ওই ঘটনার আগে ছয় মাস ধরে গাত্রদাহে বিষম কষ্ট পেয়েছিলাম।”
ঠাকুরের কাছে শুনেছি, পাপপুরুষ বিনষ্ট হওয়ার পরে গাত্রদাহ নিবারিত হলেও অল্পকাল পরেই তা আবার আরম্ভ হয়েছিল। তখন বৈধী ভক্তির সীমা উল্লঙ্ঘন করে তিনি রাগমার্গে শ্রীশ্রীজগদম্বার পূজাদিতে নিযুক্ত ছিলেন। ক্রমে তা এত বেড়ে উঠেছিল যে, ভিজে গামছা মাথায় দিয়ে তিন-চার ঘণ্টা গঙ্গাগর্ভে শরীর ডুবিয়ে বসে থেকেও তিনি শান্তিলাভ করতে পারতেন না। পরে ব্রাহ্মণী এসে সেই গাত্রদাহকে শ্রীভগবানের পূর্ণদর্শনলাভের জন্য উৎকণ্ঠা ও বিরহবেদনা-প্রসূত বলে দেখিয়ে যেরকম সহজ উপায়ে তা নিবারণ করেন, সে-সব কথা আমরা অন্যত্র বিবৃত করেছি।[2] তার পরে ঠাকুর মধুরভাব সাধন করার সময় থেকে আবার গাত্রদাহে কষ্ট পেয়েছিলেন। হৃদয় বলত, “বুকের ভিতর এক মালসা আগুন রাখলে যেমন উত্তাপ ও যন্ত্রণা হয়, ঠাকুর সেই সময়ে তেমনই অনুভব করে অস্থির হয়ে পড়তেন। মধ্যে মধ্যে দেখা দিয়ে তা তাঁকে বহুকাল ধরে কষ্ট দিয়েছিল। তারপর সাধনকালের কয়েক বছর পরে বারাসতনিবাসী মোক্তার শ্রীযুক্ত রামকানাই ঘোষালের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। ইনি উন্নত শক্তিসাধক ছিলেন এবং ঠাকুরের এই দাহের কথা শুনে তাঁকে ইষ্টকবচ অঙ্গে ধারণ করতে পরামর্শ দিয়েছিলেন। কবচধারণের পরে তিনি সেরকম দাহে আর কখনো কষ্ট পাননি।”
পূজা করতে করতে বিষয়কর্মের চিন্তার জন্য রাণী রাসমণিকে ঠাকুরের দণ্ডপ্রদান
ঠাকুরের এমন অদ্ভুত পূজা দেখে জানবাজারে ফিরে মথুরামোহন রানীমাতাকে সে কথা শোনালেন। ভক্তিমতী রানী তা শুনে বিশেষ পুলকিত হলেন। ভট্টাচার্যের মুখনিঃসৃত ভক্তিমাখা সংগীত শুনে তিনি আগেই তাঁর প্রতি স্নেহপরায়ণ ছিলেন এবং শ্রীগোবিন্দ-বিগ্রহ ভেঙে যাওয়ার সময় তাঁর ভাবাবেশ ও ভক্তিপূত বুদ্ধির পরিচয় পেয়ে বিস্মিত হয়েছিলেন।[3] অতএব শ্রীশ্রীজগদম্বার কৃপালাভ যে ঠাকুরের মতো পবিত্রহৃদয়ের পক্ষে সম্ভবপর, এ কথা বুঝতে তাঁর বিলম্ব হয়নি। এর অল্পকাল পরে কিন্তু এমন একটি ঘটনা ঘটল, যাতে রানী ও মথুরবাবুর সেই বিশ্বাস বিচলিত হওয়ার বিশেষ সম্ভাবনা ছিল। রানী একদিন মন্দিরে শ্রীশ্রীজগদম্বার দর্শন ও পূজাদি করার সময় তাতে তন্ময় না হয়ে বিষয়কর্মের একটি মামলার ফলাফল সাগ্রহে চিন্তা করছিলেন। ঠাকুর তখন সেখানে বসে তাঁকে সংগীত শোনাচ্ছিলেন। ভাবাবিষ্ট ঠাকুর তাঁর মনের কথা জানতে পেরে ‘এখানেও ওই চিন্তা!’ বলে তাঁর কোমলাঙ্গে আঘাত করে সেই চিন্তা থেকে নিরস্ত হতে শিক্ষা দিলেন। শ্রীশ্রীজগদম্বার কৃপাপাত্রী সাধিকা রানী এতে নিজের মনের দুর্বলতা ধরতে পেরে অনুতপ্ত হলেন এবং ঠাকুরের প্রতি তাঁর ভক্তি সেই ঘটনায় বিশেষ বেড়ে গেল। সে-সব কথা আমরা অন্যত্র সবিস্তারে বলেছি।
ভক্তি পরিণত হওয়ায় ঠাকুরের বাহ্যপূজা ত্যাগ—এই সময়ে তাঁর অবস্থা
এর অল্পদিন পরে শ্রীশ্রীজগন্মাতাকে নিয়ে ঠাকুরের ভাবাবেশ ও আনন্দোল্লাস এত বেড়ে উঠল যে, দেবীসেবার নিত্য-নৈমিত্তিক কার্যকলাপ কোনোমতে নির্বাহ করাও তাঁর পক্ষে অসম্ভব হল। আধ্যাত্মিক অবস্থার উন্নতিতে বৈধী কর্মের ত্যাগ কেমন স্বাভাবিকভাবে হয়, তার দৃষ্টান্ত হিসেবে ঠাকুর বলতেন, “যেমন গৃহস্থের বউয়ের যতদিন গর্ভ না হয়, ততদিন তার শাশুড়ি তাকে সব জিনিস খেতে ও সব কাজ করতে দেয়, গর্ভ হলেই সেসব বিষয়ে একটু আধটু বাছবিচার আরম্ভ হয়; পরে গর্ভ যত বাড়তে থাকে, ততই তার কাজ কমিয়ে দেওয়া হয়; ক্রমে যখন তার প্রসবের সময় এগিয়ে আসে, গর্ভের শিশুর অনিষ্টের আশঙ্কায় তখন তাকে আর কোনো কাজই করতে দেওয়া হয় না; পরে যখন তার সন্তান ভূমিষ্ঠ হয়, তখন সেই সন্তানকে নাড়াচাড়া করেই তার দিন কাটতে থাকে।” শ্রীশ্রীজগদম্বার বাহ্যপূজা ও সেবাদি-ত্যাগও ঠাকুরের ঠিক তেমনই স্বাভাবিকভাবে হয়ে এসেছিল। পূজা ও সেবার কালাকালবিচার তাঁর এখন লোপ পেল। ভাবাবেশে সর্বদা বিভোর থেকে তিনি এখন শ্রীশ্রীজগন্মাতার সেবা যখন যেভাবে করার ইচ্ছা হত, তখন সেভাবেই করতেন। যেমন—পূজা না করেই হয়তো ভোগ নিবেদন করে দিলেন! অথবা ধ্যানে তন্ময় হয়ে নিজের পৃথক অস্তিত্ব একেবারে ভুলে গিয়ে দেবীপূজার জন্য আনা পুষ্প-চন্দনাদিতে নিজাঙ্গ ভূষিত করে বসলেন! ভিতরে বাইরে নিরন্তর জগদম্বার দর্শনেই যে ঠাকুরের এই সময়ের কার্যকলাপ এমন আকার ধারণ করেছিল, এ কথা আমরা তাঁর কাছে অনেকবার শুনেছি। আর শুনেছি যে, এই সময়ে সেই তন্ময়তার যদি অল্পমাত্র হ্রাস হত, কয়েক দণ্ডের জন্যও যদি তিনি মাতৃদর্শনে বাধা পেতেন, তো এমন ব্যাকুলতা এসে তাঁকে অধিকার করে বসত যে, আছাড় খেয়ে মাটিতে পড়ে মুখ ঘষতে ঘষতে ব্যাকুল কান্নায় দিক পূর্ণ করতেন! শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে প্রাণ ছটফট করত। আছাড় খেয়ে পড়ে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত ও রক্তাক্ত হয়ে যাচ্ছে, সে দিকে লক্ষ থাকত না। জলে পড়লেন বা আগুনে পড়লেন, কখনো কখনো তারও জ্ঞান থাকত না। পরক্ষণেই আবার শ্রীশ্রীজগদম্বার দর্শন পেলে সেই ভাব কেটে যেত এবং তাঁর মুখমণ্ডল অদ্ভুত জ্যোতি ও উল্লাসে পূর্ণ হত—তিনি যেন সম্পূর্ণ আর এক ব্যক্তি হয়ে যেতেন!
পূজাত্যাগ সম্বন্ধে হৃদয়ের কথা এবং ঠাকুরের এই সময়ের অবস্থা সম্বন্ধে মথুরের সন্দেহ
ঠাকুরের এই অবস্থা হওয়ার আগে পর্যন্ত মথুরবাবু তাঁকে দিয়ে পূজাকার্য কোনোমতে চালিয়ে নিচ্ছিলেন; এখন আর তেমন করা অসম্ভব বুঝে পূজাকার্যের অন্যরকম বন্দোবস্ত করতে সংকল্প করলেন। হৃদয় বলত, “মথুরবাবুর এই সংকল্পের একটি কারণও ঘটেছিল। পূজাসন থেকে সহসা উঠে ভাবাবিষ্ট ঠাকুর একদিন মথুরবাবু ও আমাকে মন্দিরের মধ্যে দেখলেন এবং আমার হাত ধরে পূজাসনে বসিয়ে মথুরবাবুকে লক্ষ্য করে বললেন, ‘আজ থেকে হৃদয় পূজা করবে; মা বলছেন, আমার পূজার সমানই হৃদয়ের পূজা তিনি গ্রহণ করবেন।’ বিশ্বাসী মথুর ঠাকুরের সেই কথা দেবাদেশ বলে গ্রহণ করে নিলেন।” হৃদয়ের ওই কথা কতটা সত্য তা বলতে পারি না, তবে এই অবস্থায় ঠাকুরের নিত্য পূজাদি করা যে অসম্ভব, এ কথা মথুরের বুঝতে বাকি ছিল না।
গঙ্গাপ্রসাদ সেন কবিরাজের চিকিৎসা
ঠাকুরকে প্রথম দেখার সময় থেকে মথুরবাবুর মন তাঁর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিল, এ কথা আমরা ইতিপূর্বে বলেছি। সেদিন থেকে তিনি সবরকম অসুবিধা দূর করে তাঁকে দক্ষিণেশ্বর ঠাকুরবাড়িতে রাখতে চেষ্টা করেছিলেন। পরে ক্রমশ তাঁর মধ্যে অদ্ভুত গুণরাশির যত পরিচয় পাচ্ছিলেন, ততই মুগ্ধ হয়ে তিনি আবশ্যকমতো তাঁর সেবা করে এবং অন্যের অযথা অত্যাচার থেকে তাঁকে রক্ষা করে আসছিলেন। যেমন—ঠাকুরের বায়ুপ্রবণ ধাত জেনে মথুর রোজ মিছরির শরবত খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন; রাগানুগা ভক্তিপ্রভাবে ঠাকুর অদৃষ্টপূর্ব প্রণালীতে পূজা করতে শুরু করলে বাধা পাওয়ার সম্ভাবনা বুঝে তিনি তাঁকে রক্ষা করেছিলেন; এরকম আরও কয়েকটি কথা আমরা অন্যত্র উল্লেখ করেছি।[4] কিন্তু রানী রাসমণির অঙ্গে আঘাত করে ঠাকুর যেদিন তাঁকে শিক্ষা দিয়েছিলেন, সেদিন থেকে মথুর সন্দিগ্ধ হয়ে ঠাকুরের বায়ুরোগ হয়েছে বলে সিদ্ধান্ত করেছিলেন, এ কথা আমাদের সম্ভবপর বলে মনে হয়। বোধ হয় যে, সেই ঘটনায় তিনি ঠাকুরের মধ্যে আধ্যাত্মিকতার সঙ্গে উন্মত্ততার সংযোগ অনুমান করেছিলেন। কারণ, এই সময়ে তিনি কলিকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গাপ্রসাদ সেনকে দিয়ে তাঁর চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিলেন।
এভাবে চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েই মথুর ক্ষান্ত হননি। যাতে ঠাকুর নিজের মনকে সুসংযত রেখে সাধনায় অগ্রসর হন, তর্কযুক্তি দিয়ে তাঁকে তা বোঝাতেও তিনি যথেষ্ট চেষ্টা করেছিলেন। লাল জবাফুলের গাছে শ্বেত জবা প্রস্ফুটিত হতে দেখে কীভাবে তিনি তখন পরাজয় স্বীকার করে সম্পূর্ণভাবে ঠাকুরের বশীভূত হয়েছিলেন, সে-সব কথা আমরা পাঠককে অন্যত্র বলেছি।[5]
আমরা ইতিপূর্বে বলেছি, মন্দিরের নিত্য নিয়মিত ৺দেবীসেবা ঠাকুরকে দিয়ে নিষ্পন্ন করা অসম্ভব বুঝে মথুরবাবু তখন অন্য বন্দোবস্ত করেছিলেন। ঠাকুরের খুড়তুতো ভাই শ্রীযুক্ত রামতারক চট্টোপাধ্যায় এই সময়ে কাজের খোঁজে ঠাকুরবাড়িতে আসায় তাঁকেই তিনি ঠাকুরের আরোগ্য না হওয়া পর্যন্ত ৺দেবীপূজায় নিযুক্ত করলেন। সন ১২৬৫ সালে, ইংরেজি ১৮৫৮ খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটেছিল।
হলধারীর আগমন
রামতারককে ঠাকুর হলধারী বলে উল্লেখ করতেন। এঁর সম্বন্ধে অনেক কথা আমরা তাঁর কাছে শুনেছি। হলধারী সুপণ্ডিত ও নিষ্ঠাচারী সাধক ছিলেন। শ্রীমদ্ভাগবত, অধ্যাত্ম-রামায়ণাদি গ্রন্থ তিনি নিত্য পাঠ করতেন। ৺বিষ্ণুপূজায় তাঁর বেশি প্রীতি থাকলেও ৺শক্তির উপর তাঁর দ্বেষ ছিল না। সেজন্য বিষ্ণুভক্ত হয়েও তিনি মথুরবাবুর অনুরোধে শ্রীশ্রীজগদম্বার পূজাকার্যে ব্রতী হয়েছিলেন। মথুরবাবুকে বলে তিনি সিধা নিয়ে রোজ স্বহস্তে রান্না করে খাওয়ার বন্দোবস্ত করে নিয়েছিলেন। তা শুনে মথুরবাবু তাঁকে জিজ্ঞাসা করলেন, “কেন, তোমার ভাই শ্রীরামকৃষ্ণ ও ভাগনে হৃদয় তো ঠাকুরবাড়িতে প্রসাদ পাচ্ছে?” বুদ্ধিমান হলধারী তখন বললেন, “আমার ভাইয়ের আধ্যাত্মিক উচ্চাবস্থা; তার কিছুতেই দোষ নেই; আমার সেরকম অবস্থা হয়নি, সুতরাং নিষ্ঠাভঙ্গে দোষ হবে।” মথুরবাবু তাঁর এই কথায় সন্তুষ্ট হলেন এবং তখন থেকে হলধারী সিধা নিয়ে পঞ্চবটীতলে নিত্য স্বপাকে ভোজন করতেন।
শাক্তদ্বেষী না হলেও হলধারীর ৺দেবীকে পশুবলি দিতে প্রবৃত্তি হত না। পর্বের সময় ৺জগদম্বাকে পশুবলি দেওয়ার বিধি ঠাকুরবাড়িতে চলে আসছিল বলে সেই সব দিনে তিনি আনন্দে পূজা করতে পারতেন না। কথিত আছে, প্রায় এক মাস এভাবে ক্ষুণ্ণমনে পূজা করার পরে হলধারী একদিন সন্ধ্যা করতে বসেছেন, এমন সময় দেখলেন ৺দেবী ভয়ংকরী মূর্তি পরিগ্রহ করে তাঁকে বলছেন, “আমার পূজা তোকে করতে হবে না; করলে সেবাপরাধে তোর সন্তানের মৃত্যু হবে।” শোনা যায়, মাথার খেয়াল মনে করে তিনি সেই আদেশ প্রথমে গ্রাহ্য করেননি। কিন্তু কিছুকাল পরে তাঁর পুত্রের মৃত্যুসংবাদ যখন সত্যি সত্যিই এসে পৌঁছল, তখন ঠাকুরের কাছে সে কথা আদ্যোপান্ত বলে তিনি ৺দেবীপূজা থেকে বিরত হলেন। সেজন্য তখন থেকে তিনি শ্রীশ্রীরাধাগোবিন্দের পূজা এবং হৃদয় ৺দেবীপূজা করতে লাগলেন। ঘটনাটি আমরা হৃদয়ের ভাই শ্রীযুত রাজারামের কাছে শুনেছিলাম।
[1] গুরুভাব – পূর্বার্ধ, ৬ষ্ঠ অধ্যায়।
[2] গুরুভাব – উত্তরার্ধ, ১ম অধ্যায়।
[3] ঐ গুরুভাব – পূর্বার্ধ, ৫ম অধ্যায়।
[4] গুরুভাব – পূর্বার্ধ, ৬ষ্ঠ অধ্যায়।
[5] গুরুভাব – পূর্বার্ধ, ৬ষ্ঠ অধ্যায়।
সাধনকালে সময়নিরূপণ
ঠাকুরের সাধনকাল আলোচনা করতে হলে তিনি এই কাল সম্বন্ধে নিজমুখে আমাদের যা বলেছেন, তা সবার আগে স্মরণ করতে হবে। তাহলেই সেই কালের ঘটনাবলির যথাযথ সময় নির্দেশ করা অসম্ভব হবে না। পাঠককে আমরা বলেছি যে, আমরা তাঁর কাছে শুনেছি—দীর্ঘ বারো বছর ধরে নিরন্তর নানা মতের সাধনায় তিনি নিমগ্ন ছিলেন। রানী রাসমণির মন্দিরসংক্রান্ত দেবোত্তর-দানপত্র দেখলে সাব্যস্ত হয় যে, দক্ষিণেশ্বর কালীবাড়ি সন ১২৬২ সালের ১৮ জ্যৈষ্ঠ, ইংরেজি ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩১ মে তারিখে বৃহস্পতিবারে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ঘটনার কয়েক মাস পরে সন ১২৬২ সালেই ঠাকুর পূজকের পদ গ্রহণ করেছিলেন। অতএব সন ১২৬২ থেকে সন ১২৭৩ সাল পর্যন্তই যে তাঁর সাধনকাল, এ কথা সুনিশ্চিত। এই বারো বছর ঠাকুরের সাধনকাল বলে বিশেষভাবে নির্দিষ্ট হলেও তার পরে তীর্থদর্শনে গিয়ে সেসব জায়গায় এবং সেখান থেকে দক্ষিণেশ্বরে ফিরে তিনি কখনও কখনও কিছুকালের জন্য সাধনায় ব্রতী হয়েছিলেন, তা আমরা দেখতে পাব।
সেই কালের তিনটি প্রধান বিভাগ
সেই বারো বছরকে তিন ভাগে ভাগ করে প্রত্যেক অংশ আলোচনা করতে আমরা অগ্রসর হয়েছি। প্রথম, ১২৬২ থেকে ১২৬৫, চার বছর—যে কালের প্রধান প্রধান কথা আগেই আলোচনা করেছি। দ্বিতীয়, ১২৬৬ থেকে ১২৬৯ পর্যন্ত, চার বছর—যে কালের শেষ দুই বছরের বেশি সময় ধরে ঠাকুর ব্রাহ্মণীর নির্দেশে গোকুলব্রত থেকে আরম্ভ করে বঙ্গদেশে প্রচলিত চৌষট্টিখানা প্রধান তন্ত্রে নির্দিষ্ট সাধনগুলি যথাবিধি অনুষ্ঠান করেছিলেন। তৃতীয়, ১২৭০ থেকে ১২৭৩ পর্যন্ত চার বছর—যে কালে তিনি ‘জটাধারী’ নামের রামাইত সাধুর কাছ থেকে রাম-মন্ত্রে উপদিষ্ট হন ও শ্রীশ্রীরামলালাবিগ্রহ লাভ করেন। এই কালেই তিনি বৈষ্ণবতন্ত্রোক্ত মধুরভাবে সিদ্ধিলাভের জন্য ছয় মাস কাল স্ত্রীবেশে থাকেন, আচার্য শ্রীতোতাপুরীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করে সমাধির নির্বিকল্প ভূমিতে আরোহণ করেন এবং পরিশেষে শ্রীযুক্ত গোবিন্দের কাছ থেকে ইসলামি ধর্মে উপদেশ গ্রহণ করেছিলেন; সেই বারো বছরের ভিতরেই তিনি বৈষ্ণবতন্ত্রোক্ত সখ্যভাবের এবং কর্তাভজা, নবরসিক প্রভৃতি বৈষ্ণব মতের শাখা-সম্প্রদায়গুলির সাধনমার্গের সঙ্গেও পরিচিত হয়েছিলেন। বৈষ্ণবধর্মের সব সম্প্রদায়ের মতের সঙ্গেই তিনি যে বিশেষভাবে পরিচিত ছিলেন, এ কথা স্পষ্ট বোঝা যায়, কারণ বৈষ্ণবচরণ গোস্বামী প্রমুখ সেইসব পথের সাধকবর্গ আধ্যাত্মিক সহায়তা লাভের জন্য তাঁর কাছে আসতেন। ঠাকুরের সাধনকালকে ওইভাবে তিন ভাগে ভাগ করে অনুধাবন করে দেখলে সেই তিন ভাগের প্রত্যেকটিতে অনুষ্ঠিত তাঁর সাধনকালের মধ্যে একটা শ্রেণিগত বিভিন্নতা স্পষ্ট দেখা যাবে।
সাধনকালে প্রথম চার বছরে ঠাকুরের অবস্থা ও দর্শনাদির পুনরাবৃত্তি
আমরা দেখেছি—সাধনকালের প্রথম ভাগে বাইরের সহায় বলতে ঠাকুরের ছিল কেবল শ্রীযুক্ত কেনারাম ভট্টের কাছে দীক্ষাগ্রহণ। ঈশ্বরলাভের জন্য অন্তরের ব্যাকুলতাই সেই সময়ে তাঁর একমাত্র সহায় হয়েছিল। সেই ব্যাকুলতাই প্রবল হয়ে অচিরেই তাঁর শরীর-মনে অশেষ পরিবর্তন ঘটিয়েছিল। উপাস্যের প্রতি অসীম ভালোবাসা এনে দিয়ে এই ব্যাকুলতাই তাঁকে বৈধী ভক্তির নিয়মাবলি উল্লঙ্ঘন করিয়ে ক্রমে রাগানুগা ভক্তিপথে এগিয়ে নিয়ে গিয়েছিল এবং শ্রীশ্রীজগন্মাতার প্রত্যক্ষ দর্শনে ধনী করে যোগবিভূতিসম্পন্নও করে তুলেছিল।
সেই সময়ে শ্রীশ্রীজগদম্বার দর্শনলাভ হওয়ার পরে ঠাকুরকে আবার সাধন কেন করতে হয়েছিল—গুরূপদেশ, শাস্ত্রবাক্য ও নিজের প্রত্যক্ষের একতাদর্শনে শান্তিলাভ
পাঠক হয়তো বলবেন, “তবে আর বাকি রইল কী? সেই সময়েই তো ঠাকুর যোগসিদ্ধি ও ঈশ্বরলাভ করে কৃতার্থ হয়েছিলেন; তবে পরে আবার সাধন কেন?” উত্তরে বলতে হয়—একভাবে এ কথা যথার্থ হলেও পরবর্তী কালে সাধনায় প্রবৃত্ত হওয়ার অন্য প্রয়োজন তাঁর ছিল। ঠাকুর বলতেন, “গাছ ও লতার সাধারণ নিয়মে আগে ফুল, পরে ফল হয়; তাদের মধ্যে কোনো কোনোটি কিন্তু এমন আছে, যাদের আগেই ফল দেখা দিয়ে পরে ফুল দেখা দেয়।” সাধনক্ষেত্রে ঠাকুরের মনের বিকাশও ঠিক সেইভাবে হয়েছিল। এজন্য পাঠকের সেই কথাটাকে আমরা একভাবে সত্য বলছি। কিন্তু সাধনকালের প্রথম ভাগে তাঁর অদ্ভুত প্রত্যক্ষ ও জগদম্বার দর্শনাদি হলেও সেগুলিকে শাস্ত্রে লিপিবদ্ধ সাধককুলের উপলব্ধির সঙ্গে যতক্ষণ না মেলাতে পারছিলেন, ততক্ষণ পর্যন্ত সেগুলির সত্যতা এবং তাদের চরম সীমা সম্বন্ধে তিনি দৃঢ়নিশ্চয় হতে পারছিলেন না। সেই কারণে, কেবলমাত্র অন্তরের ব্যাকুলতার সাহায্যে যা তিনি আগে প্রত্যক্ষ করেছিলেন, শাস্ত্রনির্দিষ্ট পথ ও প্রণালী অবলম্বন করে তা-ই আবার প্রত্যক্ষ করার প্রয়োজন তাঁর হয়েছিল। শাস্ত্র বলেন—গুরুমুখে শ্রুত, অনুভব ও শাস্ত্রে লিপিবদ্ধ পূর্ব পূর্ব যুগের সাধককুলের অনুভবের সঙ্গে সাধক নিজের ধর্মজীবনের দিব্যদর্শন ও অলৌকিক অনুভবগুলি যতক্ষণ না মিলিয়ে সমসমান বলে দেখতে পায়, ততক্ষণ সে একেবারে নিশ্চিন্ত হতে পারে না। এই তিনটি বিষয়কে মিলিয়ে এক বলে দেখতে পাওয়ামাত্র সে সর্বতোভাবে ছিন্নসংশয় হয়ে পূর্ণ শান্তির অধিকারী হয়।
ব্যাসপুত্র শুকদেব গোস্বামীর এমন হওয়ার কথা
উপরের কথার দৃষ্টান্তস্বরূপ আমরা পাঠককে ব্যাসপুত্র পরমহংসাগ্রণী শ্রীযুক্ত শুকদেব গোস্বামীর জীবন-ঘটনা দেখাতে পারি। মায়ারহিত শুকের জীবনে জন্ম থেকেই নানারকম দিব্য দর্শন ও অনুভব হত। কিন্তু পূর্ণজ্ঞান লাভ করে কৃতার্থ হয়েছেন বলেই যে তাঁর এমন হয়, তা তিনি ধারণা করতে পারতেন না। মহামতি ব্যাসের কাছে বেদাদি শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করে শুক একদিন পিতাকে বললেন, “শাস্ত্রে যে-সব অবস্থার কথা লিপিবদ্ধ আছে, তা আমি আজন্ম অনুভব করছি; তবু আধ্যাত্মিক রাজ্যের চরম সত্য উপলব্ধি করেছি কি না, তা নিয়ে স্থিরনিশ্চয় হতে পারছি না। অতএব এ বিষয়ে আপনি যা জানেন, তা আমাকে বলুন।” ব্যাস ভাবলেন—শুককে আমি আধ্যাত্মিক লক্ষ্য ও চরম সত্য সম্বন্ধে সতত উপদেশ দিয়েছি, তবু তার মন থেকে সন্দেহ দূর হয়নি; সে মনে করছে, পূর্ণজ্ঞান লাভ করলে সে সংসারত্যাগ করবে ভেবে স্নেহের বশবর্তী হয়ে অথবা অন্য কোনো কারণে আমি তাকে সব কথা বলিনি। সুতরাং অন্য কোনো মনীষী ব্যক্তির কাছে সে কথা শোনা তার কর্তব্য। এই ভেবে ব্যাস বললেন, “আমি তোমার এই সন্দেহ নিরসন করতে অসমর্থ; মিথিলার বিদেহরাজ জনকের যথার্থ জ্ঞানী বলে প্রতিপত্তির কথা তোমার অবিদিত নয়। তাঁর কাছে গিয়ে তুমি সব প্রশ্নের মীমাংসা করে নাও।” শুক পিতার এই কথা শুনে অবিলম্বে মিথিলায় গেলেন এবং রাজর্ষি জনকের কাছে ব্রহ্মজ্ঞ পুরুষের কেমন অনুভূতি হয়, তা শুনে গুরূপদেশ, শাস্ত্রবাক্য ও নিজের জীবনানুভবের ঐক্য দেখে শান্তিলাভ করলেন।
ঠাকুরের সাধনার অন্য কারণ—স্বার্থে নয়, পরার্থে
আগে যে কারণের কথা বলা হয়েছে, তা ছাড়া ঠাকুরের পরবর্তী কালের সাধনার অন্য গভীর কারণসমূহও ছিল। সেগুলির শুধু উল্লেখটুকুই আমরা এখানে করতে পারব। শান্তিলাভ করে স্বয়ং কৃতার্থ হবেন, কেবলমাত্র এটাই ঠাকুরের সাধনার উদ্দেশ্য ছিল না। শ্রীশ্রীজগন্মাতা তাঁকে জগতের কল্যাণের জন্য শরীরপরিগ্রহ করিয়েছিলেন। সেইজন্যই পরস্পরবিবদমান ধর্মমতগুলি সাধন করে সত্যাসত্য-নির্ধারণের অদ্ভুত প্রয়াস তাঁর জীবনে দেখা দিয়েছিল। সুতরাং সমগ্র আধ্যাত্মিক জগতের আচার্যপদবি গ্রহণের জন্য তাঁকে সকলপ্রকার ধর্মমতের সাধনা ও সেগুলির চরমোদ্দেশ্যের সঙ্গে পরিচিত হতে হয়েছিল, এ কথা বলা যেতে পারে। শুধু তা-ই নয়, কেবলমাত্র অনুষ্ঠানের সাহায্যে তাঁর মতো নিরক্ষর পুরুষের জীবনে শাস্ত্রে লিপিবদ্ধ অবস্থাগুলির উদয় ঘটিয়ে শ্রীশ্রীজগদম্বা ঠাকুরকে দিয়ে বর্তমান যুগে বেদ, বাইবেল, পুরাণ, কোরানাদি সব ধর্মশাস্ত্রের সত্যতা পুনঃপ্রতিষ্ঠিত করতে অগ্রসর হয়েছিলেন। সেইজন্যও স্বয়ং শান্তিলাভ করার পরে তাঁর সাধনার বিরাম হয়নি। জগন্মাতা যে ওই বিশেষ প্রয়োজন পূরণের জন্য প্রত্যেক ধর্মমতের সিদ্ধপুরুষ ও পণ্ডিতদের যথাকালে দক্ষিণেশ্বরে এনে ঠাকুরকে যাবতীয় ধর্মমতের সাধনানুষ্ঠানের শাস্ত্রগুলি শ্রবণ করার অধিকার দিয়েছিলেন, এ কথা আমরা তাঁর অদ্ভুত জীবনালোচনায় যত অগ্রসর হব, ততই স্পষ্ট বুঝতে পারব।
যথার্থ ব্যাকুলতার উদয়ে সাধকের ঈশ্বরলাভ—ঠাকুরের জীবনে সেই ব্যাকুলতা কতটা জেগেছিল
আগে বলেছি, সাধনকালের প্রথম চার বছরে ঈশ্বরদর্শনের জন্য অন্তরের ব্যাকুল আগ্রহই ঠাকুরের প্রধান অবলম্বন হয়েছিল। এমন কোনো লোক সেই সময়ে তাঁর কাছে আসেননি, যিনি তাঁকে সব বিষয়ে শাস্ত্রনির্দিষ্ট বিধিবদ্ধ পথে সুচালিত করে আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন। সুতরাং সব সাধনপ্রণালীর অন্তর্গত তীব্র আগ্রহরূপ সাধারণ বিধিই তখন তাঁর একমাত্র অবলম্বন হয়েছিল। কেবলমাত্র এই আগ্রহের সাহায্যে ঠাকুরের ৺জগদম্বার দর্শনলাভ হওয়ায় এটাও প্রমাণিত হয় যে, বাইরের কোনো বিষয়ের সহায়তা না পেলেও একমাত্র ব্যাকুলতা থাকলেই সাধকের ঈশ্বরলাভ হতে পারে। কিন্তু কেবলমাত্র তার সাহায্যে সিদ্ধকাম হতে হলে সেই ব্যাকুলাগ্রহের পরিমাণ যে কত বেশি হওয়া আবশ্যক, তা আমরা অনেক সময় অনুধাবন করতে ভুলে যাই। ঠাকুরের এই সময়ের জীবন আলোচনা করলে এ কথা আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়। আমরা দেখেছি, তীব্র ব্যাকুলতার প্রেরণায় তাঁর আহার, নিদ্রা, লজ্জা, ভয় প্রভৃতি শারীরিক ও মানসিক দৃঢ়বদ্ধ সংস্কার ও অভ্যাসগুলি যেন কোথায় লুপ্ত হয়েছিল; এবং শারীরিক স্বাস্থ্যরক্ষা দূরে থাক, জীবনরক্ষার দিকেও কিছুমাত্র লক্ষ ছিল না। ঠাকুর বলতেন, “শরীরসংস্কারের দিকে মন আদৌ না থাকায় সেই সময়ে মাথার চুল বড় হয়ে ধুলোমাটি লেগে আপনা-আপনি জটা পাকিয়ে গিয়েছিল। ধ্যান করতে বসলে মনের একাগ্রতায় শরীরটা এমন স্থাণুবৎ স্থির হয়ে থাকত যে, পাখিরা জড় পদার্থ মনে করে নিঃসংকোচে মাথার উপর এসে বসে থাকত এবং চুলের ভিতরে জমা ধুলো ঠোঁট দিয়ে নেড়েচেড়ে তার মধ্যে চালের কণা খুঁজত! আবার সময়ে সময়ে ভগবদ্বিরহে অধীর হয়ে মাটিতে এমন মুখ ঘষতাম যে, কেটে গিয়ে জায়গায় জায়গায় রক্ত বেরোত! এ সময়ে ধ্যান, ভজন, প্রার্থনা, আত্মনিবেদনাদিতে এভাবে সমস্ত দিন যে কোথা দিয়ে চলে যেত, তার হুঁশই থাকত না! পরে সন্ধ্যা হলে যখন চারদিকে শঙ্খঘণ্টার ধ্বনি হতে থাকত, তখন মনে পড়ত—দিনের অবসান হল, আর একটা দিন বৃথা চলে গেল, মার দেখা পেলাম না। তখন তীব্র আক্ষেপ এসে প্রাণ এমন ব্যাকুল করে তুলত যে, আর স্থির থাকতে পারতাম না; আছাড় খেয়ে মাটিতে পড়ে ‘মা, এখনো দেখা দিলি না’ বলে চিৎকারে ও কান্নায় দিক ভরিয়ে দিতাম ও যন্ত্রণায় ছটফট করতাম। লোকে বলত, ‘পেটে শূলব্যথা ধরেছে, তাই অত কাঁদছে’।” আমরা ঠাকুরের কাছে আসার পর সময়ে সময়ে তিনি ঈশ্বরের জন্য প্রাণে তীব্র ব্যাকুলতার প্রয়োজন আমাদের বোঝাতে সাধনকালের এইসব কথা শুনিয়ে আক্ষেপ করে বলতেন, “লোকে স্ত্রীপুত্রাদির মৃত্যুতে বা বিষয়সম্পত্তি হারিয়ে ঘটি ঘটি চোখের জল ফেলে, কিন্তু ঈশ্বরলাভ হল না বলে কে আর অমন করে বল? অথচ বলে, ‘তাঁকে এত ডাকলাম, তবু তিনি দর্শন দিলেন না!’ ঈশ্বরের জন্য অমন ব্যাকুল হয়ে একবার কাঁদুক দেখি, কেমন না তিনি দর্শন দেন!” কথাগুলি আমাদের মর্মে মর্মে আঘাত করত; শুনলেই বোঝা যেত, তিনি নিজের জীবনে সে কথা সত্য বলে প্রত্যক্ষ করেছেন বলেই অত নিঃসংশয়ে তা বলতে পারছেন।
মহাবীরের পদানুগ হয়ে ঠাকুরের দাস্যভক্তিসাধনা
সাধনকালের প্রথম চার বছরে ঠাকুর শুধু ৺জগদম্বার দর্শন করেই নিশ্চিন্ত থাকেননি। ভাবমুখে শ্রীশ্রীজগন্মাতার দর্শনলাভের পর নিজের কুলদেবতা ৺রঘুবীরের দিকে তাঁর চিত্ত আকৃষ্ট হল। হনুমানের মতো অনন্যভক্তিতেই শ্রীরামচন্দ্রের দর্শনলাভ সম্ভবপর বুঝে দাস্যভক্তিতে সিদ্ধ হওয়ার জন্য তিনি এখন নিজের উপর মহাবীরের ভাবারোপ করে কিছুদিনের জন্য সাধনা শুরু করলেন। নিরন্তর মহাবীরের চিন্তা করতে করতে এই সময়ে তিনি সেই আদর্শে এত তন্ময় হয়েছিলেন যে, নিজের পৃথক অস্তিত্ব ও ব্যক্তিত্বের কথা কিছুকালের জন্য একেবারে ভুলে গিয়েছিলেন। তিনি বলতেন, “সেই সময়ে খাওয়াদাওয়া, চলাফেরা প্রভৃতি সব কাজ হনুমানের মতো করতে হত—ইচ্ছা করে যে করতাম তা নয়, আপনা-আপনি হয়ে পড়ত! পরবার কাপড়খানাকে লেজের মতো করে কোমরে জড়িয়ে বাঁধতাম, লাফিয়ে লাফিয়ে চলতাম, ফলমূল ছাড়া আর কিছুই খেতাম না—তাও আবার খোসা ফেলে খেতে প্রবৃত্তি হত না, গাছের উপরই অনেক সময় কাটাতাম এবং নিরন্তর ‘রঘুবীর রঘুবীর’ বলে গম্ভীরস্বরে চিৎকার করতাম। চোখ দুটো তখন সর্বদা চঞ্চল হয়ে থাকত এবং আশ্চর্যের বিষয়, মেরুদণ্ডের শেষ ভাগটা সেই সময়ে প্রায় এক ইঞ্চি বেড়ে গিয়েছিল।”[1] শেষের কথাটি শুনে আমরা জিজ্ঞাসা করেছিলাম, “মহাশয়, আপনার শরীরের ওই অংশ কি এখনও সেরকম আছে?” উত্তরে তিনি বলেছিলেন, “না, মনের উপর থেকে ওই ভাবের প্রভুত্ব চলে যাওয়ার সময় সেটা ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক আকার ধারণ করেছে।”
দাস্যভক্তি–সাধনকালে শ্রীশ্রীসীতাদেবীর দর্শনলাভ বিবরণ
দাস্যভক্তি-সাধনকালে ঠাকুরের জীবনে এক অভূতপূর্ব দর্শন ও অনুভব এসে উপস্থিত হয়। সেই দর্শন ও অনুভব তাঁর আগের দর্শন-প্রত্যক্ষাদি থেকে এত নতুন ধরনের ছিল যে, তা তাঁর মনে গভীরভাবে অঙ্কিত হয়ে স্মৃতিতে সর্বক্ষণ জাগরূক ছিল। তিনি বলতেন, “এই সময়ে পঞ্চবটীতলায় একদিন বসে আছি—ধ্যানচিন্তা কিছু যে করছিলাম তা নয়, অমনি বসে ছিলাম—এমন সময়ে নিরুপমা জ্যোতির্ময়ী স্ত্রীমূর্তি অদূরে আবির্ভূত হয়ে স্থানটিকে আলোকিত করে তুলল। শুধু সেই মূর্তিটিকেই যে তখন দেখতে পাচ্ছিলাম তা নয়, পঞ্চবটীর গাছপালা, গঙ্গা ইত্যাদি সব পদার্থই দেখতে পাচ্ছিলাম। দেখলাম, মূর্তিটি মানবীর, কারণ সে মূর্তি দেবীদের মতো ত্রিনয়নসম্পন্ন নয়। কিন্তু প্রেম-দুঃখ-করুণা-সহিষ্ণুতাপূর্ণ সেই মুখের মতো অপূর্ব ওজস্বী গম্ভীর ভাব দেবীমূর্তিতেও সচরাচর দেখা যায় না! প্রসন্ন দৃষ্টিপাতে মোহিত করে সেই দেবী-মানবী ধীর ও মন্থর পদে উত্তর দিক থেকে দক্ষিণে আমার দিকে এগিয়ে আসছেন! স্তম্ভিত হয়ে ভাবছি, ‘কে ইনি?’ —এমন সময়ে একটি হনুমান কোথা থেকে সহসা উ-উপ্ শব্দ করে এসে তাঁর পদপ্রান্তে লুটিয়ে পড়ল এবং ভিতর থেকে মন বলে উঠল, ‘সীতা, জনম-দুঃখিনী সীতা, জনকরাজনন্দিনী সীতা, রামময়জীবিতা সীতা!’ তখন ‘মা’ ‘মা’ বলে অধীর হয়ে পদে নিপতিত হতে যাচ্ছি, এমন সময় তিনি চকিতের মতো এসে (নিজের শরীর দেখিয়ে) এর ভিতর প্রবেশ করলেন! —আনন্দে বিস্ময়ে অভিভূত হয়ে বাহ্যজ্ঞান হারিয়ে পড়ে গেলাম। ধ্যান-চিন্তাদি কিছু না করে এমনভাবে কোনো দর্শন এর আগে আর হয়নি। জনম-দুঃখিনী সীতাকে সবার আগে দেখেছিলাম বলেই বোধ হয় তাঁর মতো আজন্ম দুঃখভোগ করছি!”
ঠাকুরের স্বহস্তে পঞ্চবটীরোপণ
তপস্যার উপযুক্ত পবিত্র ভূমির প্রয়োজনীয়তা অনুভব করে ঠাকুর এই সময়ে হৃদয়ের কাছে নতুন একটি পঞ্চবটী[2] স্থাপনের বাসনা প্রকাশ করেন। হৃদয় বলত, “পঞ্চবটীর কাছের হাঁসপুকুর নামের ছোট পুকুরটি তখন ঝালানো হয়েছে এবং পুরোনো পঞ্চবটীর কাছাকাছি নিচু জমিটুকু সেই মাটিতে ভরাট করে সমতল করানো হওয়ায় ঠাকুর আগে যে আমলকী গাছের নিচে ধ্যান করতেন, সেটা নষ্ট হয়ে গেছে।” তারপর এখন যেখানে সাধনকুটির আছে, তারই পশ্চিমে ঠাকুর স্বহস্তে একটি অশ্বত্থ গাছ রোপণ করে হৃদয়কে দিয়ে বট, অশোক, বেল ও আমলকী গাছের চারা রোপণ করালেন এবং তুলসী ও অপরাজিতার অনেকগুলি চারা পুঁতে সমগ্র জায়গাটিকে ঘিরিয়ে নিলেন। গরু-ছাগলের হাত থেকে সেই চারাগাছগুলিকে রক্ষা করার জন্য যে অদ্ভুত উপায়ে তিনি দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির বাগানের ‘ভর্তাভারী’ নামে একজন মালীর সাহায্যে সেখানে বেড়া লাগিয়ে নিয়েছিলেন, তা আমরা অন্যত্র উল্লেখ করেছি।[3] ঠাকুরের যত্নে এবং নিয়মিত জল দেওয়ায় তুলসী ও অপরাজিতা গাছগুলি খুব তাড়াতাড়িই এত বড় ও নিবিড় হয়ে উঠল যে, তার ভিতরে বসে যখন তিনি ধ্যান করতেন, তখন সেই জায়গার বাইরের লোকেরা তাঁকে একটুও দেখতে পেত না।
ঠাকুরের হঠযোগ–অভ্যাস
কালীবাড়ি-প্রতিষ্ঠার কথা জানাজানি হওয়ার পরে গঙ্গাসাগর ও ৺জগন্নাথ-দর্শনপ্রয়াসী পথিক-সাধুকুল সেই দুই তীর্থে যাওয়ার সময় কয়েক দিনের জন্য শ্রদ্ধাসম্পন্না রানীর আতিথ্য গ্রহণ করে দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়িতে বিশ্রাম করে যেতে আরম্ভ করেন।[4] ঠাকুর বলতেন, এভাবে অনেক সাধক ও সিদ্ধপুরুষ এখানে পদার্পণ করেছেন। এঁদের কারও কাছ থেকে উপদিষ্ট হয়ে ঠাকুর এই সময়ে প্রাণায়ামাদি হঠযোগের ক্রিয়াগুলি অভ্যাস করতেন বলে বোধ হয়। হলধারী সম্পর্কে নিম্নলিখিত ঘটনাটি বলতে বলতে একদিন তিনি আমাদের কাছে তার ইঙ্গিত দিয়েছিলেন। হঠযোগোক্ত ক্রিয়াগুলি স্বয়ং অভ্যাস করে সেগুলির ফলাফল প্রত্যক্ষ করেই তিনি পরবর্তী জীবনে সেসব অভ্যাস করতে আমাদের নিষেধ করতেন। আমাদের জানা আছে, এ বিষয়ে উপদেশ পাওয়ার জন্য কেউ কেউ তাঁর কাছে গিয়ে উত্তর পেয়েছেন—“ওসব সাধন একালের পক্ষে নয়। কলিতে জীব অল্পায়ু ও অন্নগতপ্রাণ; এখন হঠযোগ অভ্যাস করে শরীর দৃঢ় করে নিয়ে রাজযোগের সাহায্যে ঈশ্বরকে ডাকবে, তার সময় কোথায়? হঠযোগের ক্রিয়াগুলি অভ্যাস করতে হলে সিদ্ধ গুরুর সঙ্গে নিরন্তর থাকতে হয় এবং আহার-বিহারাদি সব বিষয়ে তাঁর উপদেশ নিয়ে কঠোর নিয়মগুলি মেনে চলতে হয়। নিয়মের এতটুকু ব্যতিক্রমে শরীরে ব্যাধি দেখা দেয় এবং অনেক সময় সাধকের মৃত্যুও হয়। সেজন্য ওসব করার আবশ্যকতা নেই। মনোনিরোধের জন্যই তো প্রাণায়াম ও কুম্ভকাদি করে বায়ুনিরোধ করা। ঈশ্বরের ভক্তিসংযুক্ত ধ্যানে মন ও বায়ু দুই-ই আপনা থেকে নিরুদ্ধ হয়ে আসবে। কলিতে জীব অল্পায়ু ও অল্পশক্তি বলে ভগবান কৃপা করে তার জন্য ঈশ্বরলাভের পথ সুগম করে দিয়েছেন। স্ত্রী-পুত্রের বিয়োগে প্রাণে যেমন ব্যাকুলতা ও অভাববোধ আসে, ঈশ্বরের জন্য তেমন ব্যাকুলতা মাত্র চব্বিশ ঘণ্টা কারও প্রাণে স্থায়ী হলে তিনি তাকে একেবারে দেখা দেবেনই দেবেন।”
হলধারীর অভিশাপ
লীলাপ্রসঙ্গের অন্য এক জায়গায় আমরা পাঠককে বলেছি, বর্তমানকালে ভারতের স্মৃত্যনুসারী সাধক-ভক্তেরা প্রায়ই অনুষ্ঠানে তন্ত্রের আশ্রয় নেন এবং বৈষ্ণব-সম্প্রদায়ভুক্ত এইরকম ব্যক্তিরা প্রায়ই পরকীয়া-প্রেমসাধনরূপ পথে ধাবিত হন।[5] বৈষ্ণবমতে প্রীতিসম্পন্ন হলধারীও ৺রাধাগোবিন্দজীর পূজায় নিযুক্ত হওয়ার কিছুকাল পরে গোপনে সেই সাধনপথ অবলম্বন করেছিলেন। লোকে সে কথা জানতে পেরে কানাকানি করতে লাগল; কিন্তু হলধারী বাক্-সিদ্ধ, অর্থাৎ যাকে যা বলবে তা-ই হবে, এরকম একটা প্রসিদ্ধি থাকায় কোপে পড়ার আশঙ্কায় তাঁর সামনে এ নিয়ে আলোচনা বা হাসি-পরিহাস করতে সহজে কেউ সাহস করত না। অগ্রজের সম্বন্ধে সে কথা ক্রমে ঠাকুর জানতে পারলেন এবং ভিতরে ভিতরে জল্পনা করে লোকে তাঁর নিন্দাবাদ করছে দেখে তাঁকে সব কথা খুলে বললেন। হলধারী তা শুনে ঠাকুরের এই ব্যবহারের বিপরীত অর্থ ধরে নিয়ে অত্যন্ত রুষ্ট হয়ে বললেন, “ছোট হয়ে তুই আমাকে অবজ্ঞা করলি? তোর মুখ দিয়ে রক্ত উঠবে!” ঠাকুর তাঁকে নানাভাবে প্রসন্ন করার চেষ্টা করলেও তিনি সে সময়ে কোনো কথা শুনলেন না।
উক্ত অভিশাপ কীভাবে সফল হয়েছিল
সেই ঘটনার কিছুকাল পরে একদিন রাত ৮।৯টা আন্দাজ ঠাকুরের তালুতে হঠাৎ ভীষণ সড়সড় করে উঠল, আর মুখ দিয়ে সত্যি সত্যিই রক্ত বেরোতে লাগল। ঠাকুর বলতেন, “সিমপাতার রসের মতো তার মিসকালো রং—এত গাঢ় যে, কতক বাইরে পড়তে লাগল এবং কতক মুখের ভিতরে জমে গিয়ে সামনের দাঁতের ডগা থেকে বটের জটের মতো ঝুলতে লাগল। মুখের ভিতর কাপড় দিয়ে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করতে লাগলাম, তবু থামল না দেখে বড় ভয় হল। খবর পেয়ে সকলে ছুটে এল। হলধারী তখন মন্দিরে সেবার কাজ সারছিল; খবর শুনে সেও শশব্যস্ত হয়ে এসে পড়ল। তাকে বললাম, ‘দাদা, শাপ দিয়ে তুমি আমার এ কী অবস্থা করলে, দেখ দেখি!’ আমার কাতরতা দেখে সে কাঁদতে লাগল।
“ঠাকুরবাড়িতে সেদিন একজন প্রাচীন বিজ্ঞ সাধু এসেছিলেন। গোলমাল শুনে তিনিও আমাকে দেখতে এলেন এবং রক্তের রং ও মুখের ভিতরে যে জায়গাটা থেকে তা বেরোচ্ছে, সেটা পরীক্ষা করে বললেন—‘ভয় নেই, রক্ত বেরিয়ে বড় ভালোই হয়েছে। দেখছি, তুমি যোগসাধনা করতে। হঠযোগের চরমে জড়সমাধি হয়, তোমারও তাই হচ্ছিল। সুষুম্নাদ্বার খুলে গিয়ে শরীরের রক্ত মাথায় উঠছিল। মাথায় না উঠে তা যে এভাবে মুখের ভিতরে বেরোবার একটা পথ আপনা-আপনি করে নিয়ে বাইরে চলে গেল, এতে বড়ই ভালো হল; কারণ, জড়সমাধি হলে সে সমাধি কিছুতেই ভাঙত না। তোমার শরীরটা দিয়ে ৺জগন্মাতার একটা বিশেষ কাজ আছে; তাই তিনি তোমাকে এমন করে রক্ষা করলেন!’ সাধুর সেই কথা শুনে আশ্বস্ত হলাম।” ঠাকুরের প্রতি হলধারীর শাপ এভাবে কাকতালীয়ের মতো সফল হয়ে বরে পরিণত হয়েছিল।
ঠাকুরের সম্বন্ধে হলধারীর ধারণার পুনঃপুনঃ পরিবর্তনের কথা
হলধারীর সঙ্গে ঠাকুরের আচরণে বেশ একটা মধুর রহস্যের ভাব ছিল। আগে বলেছি, হলধারী ঠাকুরের কাকার ছেলে ও বয়োজ্যেষ্ঠ ছিলেন। আন্দাজ ১২৬৫ সালে দক্ষিণেশ্বরে এসে তিনি ৺রাধাগোবিন্দজীর পূজাকার্যে ব্রতী হন এবং ১২৭২ সালের কিছুকাল পর্যন্ত সেই কাজ করেন। অতএব ঠাকুরের সাধনকালের দ্বিতীয় চার বছর এবং তার পরেও দুই বছরের বেশি সময় দক্ষিণেশ্বরে থেকে তিনি ঠাকুরকে দেখার সুযোগ পেয়েছিলেন। তবুও তিনি ঠাকুরের সম্বন্ধে একটা স্থির ধারণা করে উঠতে পারেননি। তিনি নিজে বিশেষ নিষ্ঠাচারসম্পন্ন ছিলেন; সুতরাং ভাবাবেশে ঠাকুরের পরনের কাপড়, পৈতে প্রভৃতি ফেলে দেওয়াটা তাঁর ভালো লাগত না। ভাবতেন, ছোট ভাই যথেচ্ছাচারী অথবা পাগল হয়েছেন। হৃদয় বলত—“তিনি কখনও কখনও আমাকে বলতেন, ‘হৃদু, উনি কাপড় ফেলে দেন, পৈতে ফেলে দেন, এটা বড় দোষের কথা; কত জন্মের পুণ্যে ব্রাহ্মণের ঘরে জন্ম হয়, উনি কিনা সেই ব্রাহ্মণত্বকে সামান্য জ্ঞান করে ব্রাহ্মণাভিমান ত্যাগ করতে চান! এমন কী উচ্চাবস্থা হয়েছে, যাতে উনি অমন করতে পারেন? হৃদু, উনি তোমারই কথা একটু শোনেন, তোমার উচিত যাতে উনি অমন না করতে পারেন সে বিষয়ে লক্ষ রাখা; এমনকি বেঁধে রেখেও ওঁকে যদি তুমি ওসব কাজ থেকে নিরস্ত করতে পারো, তাও করা উচিত।’”
আবার পূজা করতে করতে ঠাকুরের নয়নে প্রেমধারা, ভগবৎনামগুণশ্রবণে অদ্ভুত উল্লাস ও ঈশ্বরলাভের জন্য অদৃষ্টপূর্ব ব্যাকুলতা প্রভৃতি দেখে তিনি মোহিত হয়ে ভাবতেন, নিশ্চয়ই ছোট ভাইয়ের এসব অবস্থা ঐশ্বরিক আবেশে হয়, নইলে সাধারণ মানুষের কখনও তো এমন হতে দেখা যায় না। এই ভেবে হলধারী আবার কখনও কখনও হৃদয়কে বলতেন, “হৃদয়, তুমি নিশ্চয় ওঁর ভিতরে কোনো আশ্চর্য দর্শন পেয়েছ, নইলে কখনও এত করে ওঁর সেবা করতে না।”
নস্য নিয়ে শাস্ত্রবিচার করতে বসেই হলধারীর উচ্চ ধারণার লোপ
এভাবে হলধারীর মন সর্বদা সন্দেহে দোলায়মান থাকায় ঠাকুরের প্রকৃত অবস্থা সম্বন্ধে একটা স্থির মীমাংসায় কিছুতেই উপনীত হতে পারত না। ঠাকুর বলতেন, “আমার পূজা দেখে মোহিত হয়ে হলধারী কতদিন বলেছে, ‘রামকৃষ্ণ, এইবার আমি তোকে চিনেছি।’ তাতে কখনও কখনও আমি রহস্য করে বলতাম, ‘দেখ, আবার যেন গোলমাল হয়ে না যায়!’ সে বলত, ‘এবার আর তোর ফাঁকি দেবার জো নেই; তোতে নিশ্চয়ই ঈশ্বরীয় আবেশ আছে; এবার একেবারে ঠিকঠাক বুঝেছি।’ শুনে বলতাম, ‘আচ্ছা, দেখা যাবে।’ তারপর মন্দিরের দেবসেবা সেরে এক টিপ নস্য নিয়ে হলধারী যখন শ্রীমদ্ভাগবত, গীতা বা অধ্যাত্মরামায়ণাদি শাস্ত্র বিচার করতে বসত, তখন অভিমানে ফুলে উঠে একেবারে অন্য লোক হয়ে যেত। আমি তখন সেখানে গিয়ে বলতাম, ‘তুমি শাস্ত্রে যা যা পড়ছ, সে-সব অবস্থা আমার উপলব্ধি হয়েছে, আমি ওসব কথা বুঝতে পারি।’ শুনেই সে বলে উঠত, ‘হ্যাঁ, তুই গণ্ডমূর্খ, তুই আবার এসব কথা বুঝবি!’ আমি বলতাম (নিজের শরীর দেখিয়ে), ‘সত্য বলছি, এর ভিতরে যে আছে, সে সকল কথা বুঝিয়ে দেয়। এই যে তুমি কিছুক্ষণ পূর্বে বললে এর ভিতর ঈশ্বরীয় আবেশ আছে—সেই-ই সকল কথা বুঝিয়ে দেয়।’ হলধারী সে কথা শুনে গরম হয়ে বলত, ‘যা যা মূর্খ কোথাকার, কলিতে কল্কি ছাড়া আর ঈশ্বরের অবতার হবার কথা কোন্ শাস্ত্রে আছে? তুই উন্মাদ হইয়াছিস, তাই ঐরূপ ভাবিস।’ হেসে বলতাম, ‘এই যে বলেছিলে আর গোল হবে না’—কিন্তু সে কথা তখন শোনে কে? এরকম এক-আধদিন নয়, অনেকদিন হয়েছিল। পরে একদিন সে দেখতে পেল, ভাবাবিষ্ট হয়ে কাপড় ছেড়ে গাছের উপরে বসে আছি এবং বালকের মতো সেই অবস্থায় মূত্রত্যাগ করছি—সেদিন থেকে সে একেবারে পাকা করল (স্থিরনিশ্চয় করল) আমাকে ব্রহ্মদৈত্যে পেয়েছে!”
৺কালীকে তমোগুণময়ী বলায় ঠাকুরের হলধারীকে শিক্ষাদান
হলধারীর শিশুপুত্রের মৃত্যুর কথা আমরা ইতিপূর্বেই উল্লেখ করেছি। সেদিন থেকে তিনি ৺কালীমূর্তিকে তমোগুণময়ী বা তামসী বলে ধারণা করে নিয়েছিলেন। একদিন ঠাকুরকে সে কথা বলেও ফেললেন, “তামসী মূর্তির উপাসনায় কখনও আধ্যাত্মিক উন্নতি হতে পারে কি? তুমি ওই দেবীর আরাধনা করো কেন?” ঠাকুর এ কথা শুনে তখন তাঁকে কিছু বললেন না, কিন্তু ইষ্টনিন্দাশ্রবণে তাঁর অন্তর ব্যথিত হল। তারপর কালীমন্দিরে গিয়ে সজলনয়নে শ্রীশ্রীজগন্মাতাকে জিজ্ঞাসা করলেন, “মা, হলধারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত—সে তোকে তমোগুণময়ী বলে; তুই কি সত্যিই তাই?” এরপর ৺জগদম্বার মুখে এ বিষয়ে যথার্থ তত্ত্ব জানতে পেরে ঠাকুর উল্লাসে উৎসাহিত হয়ে হলধারীর কাছে ছুটে গেলেন এবং একেবারে তার কাঁধে চেপে বসে উত্তেজিত স্বরে বারংবার বলতে লাগলেন, “তুই মাকে তামসী বলিস? মা কি তামসী? মা যে সব—ত্রিগুণময়ী, আবার শুদ্ধসত্ত্বগুণময়ী!” ভাবাবিষ্ট ঠাকুরের এমন কথায় ও স্পর্শে হলধারীর তখন যেন অন্তরের চক্ষু প্রস্ফুটিত হল! তিনি তখন পূজার আসনে বসে ছিলেন—ঠাকুরের সেই কথা অন্তর থেকে স্বীকার করলেন এবং তাঁর ভিতর সাক্ষাৎ জগদম্বার আবির্ভাব প্রত্যক্ষ করে সামনের ফুলচন্দনাদি নিয়ে তাঁর পাদপদ্মে ভক্তিভরে অঞ্জলি দিলেন! এর কিছুক্ষণ পরে হৃদয় এসে তাঁকে জিজ্ঞাসা করল, “মামা, এই তুমি বলো রামকৃষ্ণকে ভূতে পেয়েছে, তবে আবার তাঁকে অমন করে পূজা করলে যে?” হলধারী বললেন, “কী জানি, হৃদু, কালীঘর থেকে ফিরে এসে সে আমাকে কী যে একরকম করে দিল, আমি সব ভুলে তার ভিতর সাক্ষাৎ ঈশ্বরপ্রকাশ দেখতে পেলাম! কালীমন্দিরে যখনই আমি রামকৃষ্ণের কাছে যাই, তখনই আমাকে অমন করে দেয়! এ এক চমৎকার ব্যাপার—কিছু বুঝতে পারি না!”
কাঙালিদের পাত্রাবশেষ খেতে দেখে হলধারীর ঠাকুরকে ভর্ৎসনা ও ঠাকুরের উত্তর
এভাবে হলধারী ঠাকুরের ভিতর বারংবার দৈব প্রকাশ দেখতে পেলেও নস্য নিয়ে শাস্ত্রবিচার করতে বসলেই পাণ্ডিত্যাভিমানে মত্ত হয়ে ‘পুনর্মূষিকত্ব’ প্রাপ্ত হতেন। কামকাঞ্চনে আসক্তি দূর না হলে বাহ্যশৌচ, সদাচার ও শাস্ত্রজ্ঞান যে বিশেষ কাজে লাগে না এবং মানুষের মনে সত্য তত্ত্বের ধারণা জন্মাতে পারে না, হলধারীর সেই ব্যাপার থেকে এ কথা স্পষ্ট বোঝা যায়। ঠাকুরবাড়িতে প্রসাদ পেতে আসা কাঙালিদের নারায়ণ জ্ঞান করে ঠাকুর এক সময়ে তাদের ভোজনাবশেষ গ্রহণ করেছিলেন—এ কথা আমরা আগেই বলেছি। হলধারী তা দেখে বিরক্ত হয়ে তাঁকে বলেছিলেন, “তোর ছেলেমেয়ের কেমন করে বিয়ে হয়, তা দেখব!” জ্ঞানাভিমানী হলধারীর মুখে এমন কথা শুনে ঠাকুর উত্তেজিত হয়ে বলেছিলেন, “তবে রে শালা, শাস্ত্রব্যাখ্যা করবার সময় তুই না বলিস, জগৎ মিথ্যা ও সর্বভূতে ব্রহ্মদৃষ্টি করতে হয়? তুই বুঝি ভাবিস, আমি তোর মতো জগৎ মিথ্যা বলব, অথচ ছেলেমেয়ের বাপ হব! ধিক্ তোর শাস্ত্রজ্ঞানে!”
হলধারীর পাণ্ডিত্যে ঠাকুরের মনে সন্দেহের উদয় এবং শ্রীশ্রীজগদম্বার পুনর্দর্শন ও প্রত্যাদেশ–লাভ—‘ভাবমুখে থাক্’
বালকস্বভাব ঠাকুর আবার কখনও কখনও হলধারীর পাণ্ডিত্যে ভুলে ইতিকর্তব্যতা-বিষয়ে শ্রীশ্রীজগন্মাতার মতামত নিতে ছুটতেন। আমরা শুনেছি, ভাবের মধ্য দিয়ে ঐশ্বরিক স্বরূপ সম্বন্ধে যে-সব অনুভূতি হয়, সেগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে এবং ঈশ্বরকে ভাবাভাবের অতীত বলে শাস্ত্রের সাহায্যে দেখিয়ে দিয়ে হলধারী একদিন ঠাকুরের মনে বিষম সন্দেহ জাগিয়ে তুলেছিলেন। ঠাকুর বলতেন, “ভাবলাম, তবে তো ভাবাবেশে যত কিছু ঈশ্বরীয় রূপ দেখেছি, আদেশ পেয়েছি, সে সমস্ত ভুল; মা তো তবে আমায় ফাঁকি দিয়েছে! মন বড়ই ব্যাকুল হল এবং অভিমানে কাঁদতে কাঁদতে মাকে বলতে লাগলাম—‘মা, নিরক্ষর মুখ্খু বলে আমাকে কি এমনি করে ফাঁকি দিতে হয়?’ —সে কান্নার তোড় (বেগ) আর থামে না! কুঠির ঘরে বসে কাঁদছিলাম। কিছুক্ষণ পরে দেখি কী, হঠাৎ মেঝে থেকে কুয়াশার মতো ধোঁয়া উঠে সামনের কতকটা জায়গা ভরে গেল! তারপর দেখি, তার ভিতরে আবক্ষলম্বিতশ্মশ্রু একখানি গৌরবর্ণ জীবন্ত সৌম্য মুখ! সেই মূর্তি আমার দিকে স্থির দৃষ্টিতে দেখতে দেখতে গম্ভীরস্বরে বললেন—‘ওরে, তুই ভাবমুখে থাক্, ভাবমুখে থাক্, ভাবমুখে থাক্!’ —তিনবার মাত্র ওই কথাগুলি বলেই মূর্তিটি ধীরে ধীরে আবার সেই কুয়াশায় গলে গেল এবং কুয়াশার মতো সেই ধোঁয়াও কোথায় অন্তর্হিত হল! এই দেখে সেবার শান্ত হলাম।” ঘটনাটি ঠাকুর একদিন স্বামী প্রেমানন্দকে স্বমুখে বলেছিলেন। ঠাকুর বলতেন, “হলধারীর কথায় এরকম সন্দেহ আর একবার মনে উঠেছিল; সেবার পূজা করতে করতে মাকে এ বিষয়ের মীমাংসার জন্য কেঁদে ধরেছিলাম; মা তখন ‘রতির মা’ নামে একটি স্ত্রীলোকের বেশে ঘটের পাশে আবির্ভূত হয়ে বলেছিলেন, ‘তুই ভাবমুখে থাক্’!” আবার পরিব্রাজকাচার্য তোতাপুরী গোস্বামী বেদান্তজ্ঞানের উপদেশ দিয়ে দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়ার পর ঠাকুর যখন ছয় মাস ধরে নিরন্তর নির্বিকল্প ভূমিতে বাস করেছিলেন, তখনও সেই কালের শেষে শ্রীশ্রীজগদম্বার অশরীরী বাণী প্রাণে প্রাণে শুনতে পেয়েছিলেন—‘তুই ভাবমুখে থাক্’!
হলধারী কালীবাড়িতে কতকাল ছিলেন
দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়িতে হলধারী প্রায় সাত বছর বাস করেছিলেন। সুতরাং পিশাচবৎ আচারবান পূর্ণজ্ঞানী সাধু, ব্রাহ্মণী, জটাধারী নামের রামায়েৎ সাধু এবং শ্রীমৎ তোতাপুরী যে দক্ষিণেশ্বরে পর পর এসেছিলেন, তা তিনি স্বচক্ষে দেখেছিলেন। ঠাকুরের শ্রীমুখে শোনা গেছে, হলধারী কখনও কখনও শ্রীমৎ তোতাপুরীর সঙ্গে একত্রে অধ্যাত্মরামায়ণাদি শাস্ত্র পাঠ করতেন। অতএব হলধারী-সংক্রান্ত ঘটনাগুলি সেই সাত বছরের মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে ঘটেছিল। বলার সুবিধার জন্য আমরা সেগুলি পাঠককে একসঙ্গে বলে নিলাম।
ঠাকুরের দিব্যোন্মাদাবস্থা সম্বন্ধে আলোচনা
ঠাকুরের সাধক-জীবনের কথা আমরা যতদূর আলোচনা করলাম, তাতে এ কথা নিঃসংশয়ে বোঝা যায়, কালীবাড়ির জনসাধারণের চোখে তিনি তখন উন্মত্ত বলে পরিগণিত হলেও মস্তিষ্কের বিকার বা ব্যাধিপ্রসূত সাধারণ উন্মাদাবস্থা তাঁর মধ্যে দেখা দেয়নি। ঈশ্বরদর্শনের জন্য তাঁর অন্তরে তীব্র ব্যাকুলতার উদয় হয়েছিল এবং তার প্রভাবে তিনি সেই সময়ে আত্মসংবরণ করতে পারছিলেন না! অগ্নিশিখার মতো জ্বালাময় এমন ব্যাকুলতা হৃদয়ে নিরন্তর ধারণ করে সাধারণ বিষয়গুলিতে সাধারণ মানুষের মতো যোগ দিতে পারছিলেন না; সেইজন্যই লোকে বলছিল, তিনি উন্মাদ হয়েছেন। কে-ই বা তা করতে পারে? তীব্র হৃদয়বেদনা মানবের স্বাভাবিক সহ্যগুণকে যখন অতিক্রম করে, কেউই তখন মুখে একরকম এবং ভিতরে অন্যরকম ভাব রেখে সংসারে সকলের সঙ্গে একযোগে চলতে পারে না। বলতে পারো, সহ্যগুণের সীমা কিন্তু সকলের পক্ষে এক নয়, কেউ অল্প সুখদুঃখেই বিচলিত হয়ে পড়ে, আবার কেউ বা দুয়েরই গভীর বেগ হৃদয়ে ধরেও সমুদ্রের মতো অচল অটল থাকে; অতএব ঠাকুরের সহ্যগুণের সীমার পরিমাণটা বুঝব কী করে? উত্তরে বলা যায়, তাঁর জীবনের অন্যান্য ঘটনাবলি অনুধাবন করলেই সেই সহ্যগুণ যে অসাধারণ ছিল, এ কথা স্পষ্ট প্রতীয়মান হবে; দীর্ঘ বারো বছর অর্ধাশন, অনশন ও অনিদ্রায় কাটিয়ে যিনি স্থির থাকতে পারেন, অতুল সম্পত্তি বারংবার পায়ে এসে পড়লে ঈশ্বরলাভের পথে অন্তরায় বলে যিনি তা ততোধিকবার প্রত্যাখ্যান করতে পারেন—এমন কত কথাই না বলা যায়—তাঁর শরীর ও মনের অসাধারণ ধৈর্যের কথা কি আবার বলতে হবে?
অজ্ঞ ব্যক্তিরাই সেই অবস্থাকে ব্যাধিজনিত ভেবেছিল, সাধকেরা নয়
এই সময়ের ঘটনাবলি অনুধাবন করলে দেখা যায়, কামকাঞ্চনোন্মত্ত বদ্ধ জীবের চোখেই তাঁর সেই অবস্থা ব্যাধিজনিত বলে মনে হয়েছিল। দেখা যায়, মথুরানাথকে বাদ দিলে কল্পনা ও যুক্তির সাহায্যে তাঁর মানসিক অবস্থা আংশিকভাবেও নির্ধারণ করতে পারে, এমন কোনো লোক সেই সময়ে দক্ষিণেশ্বর কালীবাড়িতে উপস্থিত ছিল না। শ্রীযুত কেনারাম ভট্ট ঠাকুরকে দীক্ষা দিয়েই কোথায় যে অন্তর্হিত হয়েছিলেন, বলতে পারি না; কারণ সেই ঘটনার পরে তাঁর কথা হৃদয় বা অন্য কারও মুখে শোনা যায়নি। ঠাকুরবাড়ির মূর্খ লুব্ধ কর্মচারীরা ঠাকুরের এই সময়ের ক্রিয়াকলাপ ও মানসিক অবস্থার বিষয়ে যে সাক্ষ্য দিয়েছে, তা প্রমাণের মধ্যে গণ্য হতে পারে না। অতএব কালীবাড়িতে সমাগত সিদ্ধ ও সাধকেরা তাঁর অবস্থা সম্বন্ধে এই সময়ে যা বলে গেছেন, তাই এ বিষয়ে একমাত্র বিশ্বস্ত প্রমাণ। ঠাকুরের নিজের ও অন্যান্য ব্যক্তিদের কাছে এ নিয়ে যা শোনা গেছে, তাতে জানা যায়, সেই সিদ্ধ ও সাধকেরা তাঁকে উন্মাদগ্রস্ত বলে স্থির করা তো দূরের কথা, তাঁর সম্বন্ধে সর্বদা অতি উচ্চ ধারণা করতেন।
এই কালের কার্যকলাপ দেখে ঠাকুরকে ব্যাধিগ্রস্ত বলা চলে না
পরবর্তী কালের কথাগুলি আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাব, ঈশ্বরলাভের প্রবল ব্যাকুলতায় ঠাকুর যতক্ষণ না একেবারে দেহবোধরহিত হয়ে পড়তেন, ততক্ষণ শারীরিক কল্যাণের জন্য তাঁকে যে যা করতে বলত, তা তৎক্ষণাৎ পালন করতেন। পাঁচজনে বলল, তাঁর চিকিৎসা করানো হোক, তাতে তিনি সম্মত হলেন; কামারপুকুরে তাঁর মায়ের কাছে নিয়ে যাওয়া হোক, তাতে সম্মত হলেন; বিয়ে দেওয়া হোক, তাতেও অমত করলেন না! —এমন অবস্থায় উন্মত্তের কার্যকলাপের সঙ্গে তাঁর আচরণাদির কেমন করে তুলনা করা যেতে পারে?
আবার দেখা যায়, দিব্যোন্মাদ-অবস্থা লাভ করার পর থেকে ঠাকুর বিষয়ী লোক ও বিষয়সংক্রান্ত ব্যাপারগুলি থেকে সর্বদা দূরে থাকতে যত্নবান হলেও বহু লোক একত্র হয়ে যেখানে কোনোভাবে ঈশ্বরের পূজাকীর্তনাদি করছে, সেখানে যেতে এবং তাদের সঙ্গে যোগ দিতে কোনো আপত্তি করা তো দূরের কথা, বিশেষ আগ্রহ প্রকাশ করতেন। বরাহনগরে ৺দশমহাবিদ্যা-দর্শন, কালীঘাটে শ্রীশ্রীজগদম্বাকে দেখতে যাওয়া এবং এই সময় থেকে প্রায় প্রতি বছর পানিহাটির মহোৎসবে যোগ দেওয়া—এসব থেকে তাঁর সম্বন্ধে এ কথা বেশ বোঝা যায়। সেসব জায়গাতেও শাস্ত্রজ্ঞ সাধকদের সঙ্গে তাঁর কখনও কখনও দর্শন-সম্ভাষণাদি হয়েছিল। সে বিষয়ে আমরা অল্প অল্প যা জানতে পেরেছি, তাতে বুঝেছি, সেই সাধকেরাও তাঁকে উচ্চাসন দিয়েছিলেন।
১২৬৫ সালে পানিহাটির মহোৎসবে বৈষ্ণবচরণের ঠাকুরকে প্রথম দর্শন ও ধারণা
এ বিষয়ে দৃষ্টান্ত হিসেবে আমরা সন ১২৬৫ সালে (ইংরেজি ১৮৫৮ খ্রিস্টাব্দে) ঠাকুরের পানিহাটির মহোৎসব দেখতে যাওয়ার কথা উল্লেখ করতে পারি। উৎসবানন্দ গোস্বামীর পুত্র বৈষ্ণবচরণকে তিনি সেদিন প্রথম দেখেছিলেন। হৃদয়ের কাছে এবং ঠাকুরের নিজমুখেও আমাদের কেউ কেউ শুনেছেন, সেদিন পানিহাটিতে গিয়ে তিনি শ্রীযুক্ত মণিমোহন সেনের ঠাকুরবাড়িতে বসে ছিলেন, এমন সময়ে বৈষ্ণবচরণ সেখানে এসে উপস্থিত হলেন এবং তাঁকে দেখেই আধ্যাত্মিক উচ্চাবস্থাসম্পন্ন অদ্বিতীয় মহাপুরুষ বলে স্থিরনিশ্চয় করলেন। বৈষ্ণবচরণ সেদিন বেশির ভাগ সময় উৎসবক্ষেত্রে তাঁর সঙ্গে কাটালেন এবং নিজের খরচে চিড়ে, মুড়কি, আম ইত্যাদি কিনে ‘মালসা ভোগের’ বন্দোবস্ত করে তাঁকে নিয়ে আনন্দ করলেন। আবার, উৎসবের পর কলিকাতা ফেরার সময় তিনি আরেকবার দর্শন পাওয়ার জন্য রানী রাসমণির কালীবাড়িতে নেমে ঠাকুরের খোঁজ করলেন; এবং ঠাকুর তখনও উৎসবক্ষেত্র থেকে ফেরেননি জানতে পেরে ক্ষুণ্ণমনে চলে এলেন। সেই ঘটনার তিন-চার বছর পরে বৈষ্ণবচরণ কীভাবে আবার ঠাকুরের দর্শন পান এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ হন, সে-সব কথা আমরা অন্যত্র সবিস্তারে উল্লেখ করেছি।[6]
ঠাকুরের এই কালের অন্যান্য সাধন—‘টাকা মাটি, মাটি টাকা’; অশুচিস্থান পরিষ্কার; চন্দন–বিষ্ঠায় সমজ্ঞান
এই চার বছরের মধ্যেই আবার ঠাকুর মন থেকে কাঞ্চনাসক্তি একেবারে দূর করার জন্য কয়েক খণ্ড মুদ্রা মাটির সঙ্গে একত্র হাতে নিয়ে সদসদ্বিচার করেছিলেন। যে ব্যক্তি সচ্চিদানন্দস্বরূপ ঈশ্বরকে লাভ করাকে জীবনের উদ্দেশ্য করেছে, সে মাটির মতো কাঞ্চন থেকেও এ বিষয়ে কোনো সাহায্য পায় না। সুতরাং তাঁর কাছে মাটি ও কাঞ্চন দুয়েরই সমান মূল্য। সেই কথা দৃঢ়ভাবে ধারণা করার জন্য তিনি বারংবার ‘টাকা মাটি’, ‘মাটি টাকা’ বলতে বলতে কাঞ্চন লাভ করার বাসনার সঙ্গে হাতের মাটি ও মুদ্রাগুলি গঙ্গাগর্ভে বিসর্জন দিয়েছিলেন। তেমনই আব্রহ্মস্তম্বপর্যন্ত সমস্ত বস্তু ও ব্যক্তিকে শ্রীশ্রীজগদম্বার প্রকাশ ও অংশ বলে ধারণা করার জন্য কাঙালিদের ভোজনাবশিষ্ট গ্রহণ করে ভোজনের জায়গা পরিষ্কার করা—সকলের ঘৃণার পাত্র মেথরের চেয়েও তিনি কোনো অংশে বড় নন, এ কথা ধারণা করে মন থেকে অভিমান-অহংকার পরিহার করার জন্য অশুচি স্থান ধোয়া—চন্দন থেকে বিষ্ঠা পর্যন্ত সব পদার্থ পঞ্চভূতের বিকারপ্রসূত জেনে হেয়োপাদেয়জ্ঞান দূর করার জন্য জিহ্বা দিয়ে অপরের বিষ্ঠা নির্বিকারচিত্তে স্পর্শ করা প্রভৃতি যে-সব অশ্রুতপূর্ব সাধনের কথা ঠাকুরের সম্বন্ধে শোনা যায়, সেগুলিও তিনি এই সময়েই করেছিলেন। প্রথম চার বছরের এইসব সাধন ও দর্শনের কথা অনুধাবন করলে ঈশ্বরলাভের জন্য সেই সময়ে তাঁর মনে কী অসাধারণ আগ্রহ আধিপত্য করেছিল এবং কী অলৌকিক বিশ্বাস নিয়ে তিনি সাধনরাজ্যে অগ্রসর হয়েছিলেন, তা স্পষ্ট বোঝা যায়। সেইসঙ্গে এই নিশ্চিত ধারণাও হয় যে, অপর কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য না পেয়ে একমাত্র ব্যাকুলতার বলে তিনি সেই সময়ের মধ্যে শ্রীশ্রীজগদম্বার পূর্ণ দর্শন লাভ করে সিদ্ধকাম হয়েছিলেন এবং সাধনার চরম ফল করগত করে গুরুবাক্য ও শাস্ত্রবাক্যের সঙ্গে নিজের অপূর্ব প্রত্যক্ষগুলি মেলাতেই পরবর্তী কালে অগ্রসর হয়েছিলেন!
পরিশেষে নিজ মনই সাধকের গুরু হয়ে দাঁড়ায়—ঠাকুরের মনের এই কালে গুরুবৎ আচরণের দৃষ্টান্ত:
(১) সূক্ষ্মদেহে কীর্তনানন্দ
নিরন্তর ত্যাগ ও সংযম অভ্যাস করে সাধক যখন নিজের মনকে সম্পূর্ণভাবে বশীভূত করে পবিত্র হয়, ঠাকুর বলতেন, সেই মনই তখন তার গুরু হয়। এমন শুদ্ধ মনে যে-সব ভাবতরঙ্গ উঠতে থাকে, সেগুলি তাকে বিপথগামী করা তো দূরের কথা, গন্তব্য লক্ষ্যে শীঘ্রই পৌঁছে দেয়। অতএব বোঝা যাচ্ছে, ঠাকুরের আজন্ম পরিশুদ্ধ মন গুরুর মতো পথ দেখিয়ে সাধনার প্রথম চার বছরেই তাঁকে ঈশ্বরলাভ-বিষয়ে সিদ্ধকাম করেছিল। তাঁর কাছে শুনেছি, সেই মন তখন তাঁকে কোন কাজ করতে হবে এবং কোনটি থেকে বিরত থাকতে হবে, তা শিক্ষা দিয়েই নিশ্চিন্ত থাকত না, সময়ে সময়ে মূর্তি পরিগ্রহ করে পৃথক এক ব্যক্তির মতো দেহের ভিতর থেকে তাঁর সামনে আবির্ভূত হয়ে তাঁকে সাধনপথে উৎসাহিতও করত, ভয় দেখিয়ে ধ্যানে নিমগ্ন হয়ে যেতে বলত, অনুষ্ঠানবিশেষ কেন করতে হবে তা বুঝিয়ে দিত এবং কৃতকার্যের ফলাফল জানিয়ে দিত! এই সময়ে ধ্যান করতে বসে তিনি দেখতেন, শাণিত-ত্রিশূলধারী একজন সন্ন্যাসী দেহের ভিতর থেকে বেরিয়ে এসে তাঁকে বলছেন, “অন্য সব চিন্তা ছেড়ে ইষ্টচিন্তা যদি না করবি তো এই ত্রিশূল তোর বুকে বসিয়ে দেব!” অন্য এক সময়ে দেখেছিলেন—ভোগবাসনাময় পাপপুরুষ শরীরের ভিতর থেকে বেরিয়ে এলে সেই সন্ন্যাসী যুবকও সঙ্গে সঙ্গে বাইরে এসে তাকে নিহত করলেন! দূরের দেবদেবীর মূর্তি দর্শন করতে অথবা কীর্তনাদি শুনতে অভিলাষী হয়ে সেই সন্ন্যাসী যুবক কখনও কখনও এভাবে দেহ থেকে বেরিয়ে জ্যোতির্ময় পথে সেখানে যেতেন এবং কিছুক্ষণ আনন্দ উপভোগ করে পুনরায় ওই জ্যোতির্ময় পথ ধরে এসে তাঁর শরীরে প্রবেশ করতেন! —এইরকম নানা দর্শনের কথা আমরা ঠাকুরের কাছে শুনেছি।
(২) নিজ শরীরের ভিতরে যুবক সন্ন্যাসীর দর্শন ও উপদেশ–লাভ
সাধনকালের প্রায় শুরু থেকে ঠাকুর দর্পণে দেখা প্রতিবিম্বের মতো তাঁরই অনুরূপ আকারের, শরীরের ভিতরে থাকা সেই যুবক সন্ন্যাসীর দর্শন পেয়েছিলেন এবং ক্রমে সব কাজের মীমাংসায় তাঁর পরামর্শমতো চলতে অভ্যস্ত হয়েছিলেন। সাধকজীবনের অপূর্ব অনুভব-প্রত্যক্ষাদির প্রসঙ্গ করতে করতে তিনি একদিন সে কথা আমাদের এইভাবে বলেছিলেন: “আমারই মতো দেখতে এক যুবক সন্ন্যাসিমূর্তি ভিতর থেকে যখন তখন বেরিয়ে আমাকে সব বিষয়ে উপদেশ দিত। সে এভাবে বাইরে এলে কখনও সামান্য বাহ্যজ্ঞান থাকত এবং কখনও বা তা একেবারে হারিয়ে জড়ের মতো পড়ে থেকে কেবল তারই ক্রিয়া ও কথা দেখতে এবং শুনতে পেতাম! তার মুখ থেকে যা শুনেছিলাম, সেই সব তত্ত্বকথাই ব্রাহ্মণী, ন্যাংটা (শ্রীমৎ তোতাপুরী) প্রভৃতি এসে আবার উপদেশ দিয়েছিলেন। যা জানতাম, তাই তাঁরা জানিয়ে দিয়েছিলেন। এতে বোধ হয় যে, শাস্ত্রবিধির মান্য রক্ষা করাবার জন্যই তাঁরা গুরুরূপে জীবনে এসেছিলেন। নইলে ন্যাংটা প্রভৃতিকে গুরুরূপে গ্রহণ করার প্রয়োজন খুঁজে পাওয়া যায় না।”
(৩) সিহড় যাওয়ার পথে ঠাকুরের দর্শন—উক্ত দর্শন সম্বন্ধে ভৈরবী ব্রাহ্মণীর মীমাংসা
সাধনার প্রথম চার বছরের শেষভাগে ঠাকুর যখন কামারপুকুরে ছিলেন, তখন এ বিষয়ের আর একটি অপূর্ব দর্শন তাঁর জীবনে ঘটেছিল। শিবিকায় চড়ে কামারপুকুর থেকে সিহড় গ্রামে হৃদয়ের বাড়িতে যাওয়ার সময় তাঁর সেই দর্শন হয়। তারই কথা এখন পাঠককে বলব—সুনীল অম্বরতলে বিস্তীর্ণ প্রান্তর, শ্যামল ধানখেত, বিহগকূজিত শীতলছায়াময় অশ্বত্থবটবৃক্ষরাজি এবং মধুগন্ধ-কুসুম-ভূষিত তরুলতা প্রভৃতি অবলোকন করে প্রফুল্লমনে যেতে যেতে ঠাকুর দেখলেন, তাঁর দেহের ভিতর থেকে দুটি কিশোরবয়স্ক সুন্দর বালক সহসা বেরিয়ে এসে বনপুষ্পাদির খোঁজে কখনও প্রান্তরের মধ্যে বহুদূরে চলে যাচ্ছে, আবার কখনও বা শিবিকার কাছে এসে হাসি, পরিহাস, কথোপকথন প্রভৃতি নানা খেলা করতে করতে এগিয়ে চলেছে। অনেকক্ষণ ধরে এইভাবে আনন্দে বিহার করে তারা পুনরায় তাঁর দেহের ভিতরে প্রবেশ করল। সেই দর্শনের প্রায় দেড় বছর পরে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন। কথাপ্রসঙ্গে একদিন ঠাকুরের কাছে সেই দর্শনের বিবরণ শুনে তিনি বলেছিলেন, “বাবা, তুমি ঠিক দেখেছ; এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব—শ্রীনিত্যানন্দ ও শ্রীচৈতন্য এবার একসঙ্গে একাধারে এসে তোমার ভিতরে রয়েছেন! সেইজন্যই তোমার অমন দর্শন হয়েছিল।” হৃদয় বলত, এ কথা বলে ব্রাহ্মণী চৈতন্য-ভাগবত থেকে নিচের শ্লোক দুটি আবৃত্তি করেছিলেন –
অদ্বৈতের গলা ধরি কহেন বার বার
পুনঃ যে করিব লীলা মোর চমৎকার।
কীর্তনে আনন্দরূপ হইবে আমার॥
অদ্যাবধি গৌরলীলা করেন গৌররায়।
কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়॥
ওই দর্শন থেকে যা বোঝা যায়
আমরা একদিন তাঁকে সেই দর্শনের কথা জিজ্ঞাসা করলে ঠাকুর বলেছিলেন, “ওরকম দেখেছিলাম, সত্য। ব্রাহ্মণী তা শুনে ওরকম বলেছিল, এ কথাও সত্য। কিন্তু তার যথার্থ অর্থ যে কী, তা কেমন করে বলি, বল?” যা হোক, এসব দর্শনের কথা শুনে মনে হয়, তিনি এই সময় থেকে জানতে পেরেছিলেন, বহু প্রাচীনকাল থেকে পৃথিবীতে সুপরিচিত কোনো এক আত্মা তাঁর শরীরমনে আমিত্বাভিমান নিয়ে একটি বিশেষ প্রয়োজন সিদ্ধ করার জন্য অবস্থান করছে! এভাবে নিজের ব্যক্তিত্ব সম্বন্ধে যে অলৌকিক আভাস তিনি এই সময়ে পাচ্ছিলেন, তা-ই কালক্রমে সুস্পষ্ট হয়ে তাঁকে বুঝিয়ে দিয়েছিল—যিনি পূর্ব পূর্ব যুগে ধর্মসংস্থাপনের জন্য অযোধ্যা ও শ্রীবৃন্দাবনে জানকীবল্লভ শ্রীরামচন্দ্র ও রাধাবল্লভ শ্রীকৃষ্ণচন্দ্র-রূপে জন্মগ্রহণ করেছিলেন, তিনিই এখন পুনরায় ভারত ও জগৎকে নবীন ধর্মাদর্শ দেওয়ার জন্য নতুন শরীর পরিগ্রহ করে শ্রীরামকৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছেন। আমরা তাঁকে বারংবার বলতে শুনেছি, “যে রাম, যে কৃষ্ণ হয়েছিল, সে-ই ইদানীং (নিজের শরীর দেখিয়ে) এই খোলটার ভিতরে এসেছে—রাজা যেমন কখনও কখনও ছদ্মবেশে নগরভ্রমণে বেরোয়, তেমনই গুপ্তভাবে সে এবার পৃথিবীতে এসেছে!”
ঠাকুরের দর্শনগুলি কখনও মিথ্যা হয়নি
আগে যে দর্শনটির কথা বলা হয়েছে, তার সত্যাসত্য নির্ণয় করতে হলে অন্তরঙ্গ ভক্তদের কাছে ঠাকুর এভাবে নিজের ব্যক্তিত্ব সম্বন্ধে যা বলেছেন, তাতে বিশ্বাস করা ছাড়া অন্য কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই দর্শনটির কথা ছেড়ে দিলে তাঁর এই সময়ের অন্য দর্শনগুলির সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত ধারণা করতে পারি। কারণ, এইরকম দর্শনাদি আমাদের সময়ে ঠাকুরের জীবনে নিত্যই ঘটত এবং তাঁর ইংরেজিশিক্ষিত সন্দেহশীল শিষ্যবর্গ সেগুলি পরীক্ষা করতে গিয়ে প্রতিদিন পরাজিত ও স্তম্ভিত হত। এ বিষয়ের কয়েকটি উদাহরণ[7] ‘লীলাপ্রসঙ্গে’র অন্যত্র থাকলেও পাঠকের তৃপ্তির জন্য আর একটি দৃষ্টান্ত এখানে লিপিবদ্ধ করছি।
এ বিষয়ে দৃষ্টান্ত—১৮৮৫ খ্রিস্টাব্দে শ্রীসুরেশচন্দ্র মিত্রের বাড়িতে ৺দুর্গাপূজার সময় ঠাকুরের দর্শন–বিবরণ
১৮৮৫ খ্রিস্টাব্দের শেষভাগ, আশ্বিন মাস, ৺শারদীয় পূজা-মহোৎসবে কলিকাতা নগরীর আবালবৃদ্ধবনিতা প্রতি বছর যেমন মেতে ওঠে, তেমনই মেতে উঠেছে। সে আনন্দের প্রবাহ ঠাকুরের ভক্তদের প্রাণে বিশেষভাবে অনুভূত হলেও তার বাহ্যপ্রকাশের পথে বিশেষ বাধা দেখা দিয়েছে। কারণ, যাঁকে নিয়ে তাদের আনন্দোল্লাস, তাঁর শরীরই এখন অসুস্থ—ঠাকুর গলরোগে আক্রান্ত। কলিকাতার শ্যামপুকুর পাড়ার একটি দোতলা বাড়ি[8] ভাড়া করে প্রায় এক মাস হল ভক্তেরা তাঁকে এনে রেখেছে এবং সুপ্রসিদ্ধ চিকিৎসক শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার ওষুধ-পথ্যের ব্যবস্থা করে তাঁকে রোগমুক্ত করতে সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু ব্যাধির উপশম এ পর্যন্ত কিছুমাত্র হয়নি, উত্তরোত্তর তা বেড়েই চলেছে। গৃহস্থ ভক্তেরা সকাল-সন্ধ্যা সেই বাড়িতে এসে সব বিষয়ের তত্ত্বাবধান ও বন্দোবস্ত করছে এবং যুবক-ছাত্র ভক্তদলের মধ্যে অনেকে নিজ নিজ বাড়িতে খাওয়াদাওয়া করতে যাওয়া ছাড়া অন্য সময়ে ঠাকুরের সেবায় লেগে রয়েছে; আবশ্যক বুঝে কেউ কেউ তার জন্যও বাড়ি না গিয়ে চব্বিশ ঘণ্টা এখানেই কাটাচ্ছে।
বেশি কথা বললে এবং বারংবার সমাধিস্থ হলে শরীরের রক্তপ্রবাহ উপরের দিকে উঠে ক্ষতস্থানটিকে নিরন্তর আঘাত করে রোগের উপশম হতে দেবে না, চিকিৎসক সেজন্য ঠাকুরকে ওই দুই বিষয়েই সংযত থাকতে বলে গেছেন। সেই ব্যবস্থামতো চলার চেষ্টা করলেও ভুলক্রমে তিনি বারংবার তার বিপরীত কাজ করে বসছেন। কারণ ‘হাড়মাসের খাঁচা’ বলে চিরকাল অবজ্ঞা করে যে শরীর থেকে মন তুলে নিয়েছেন, সাধারণ মানুষের মতো তাকে আবার বহুমূল্য জ্ঞান করতে তিনি কিছুতেই পারছেন না। ভগবৎপ্রসঙ্গ উঠলেই শরীর ও শরীর রক্ষার কথা ভুলে আগের মতো তাতে যোগ দিয়ে বারংবার সমাধিস্থ হয়ে পড়ছেন! এর আগে তাঁর দর্শন পায়নি এমন অনেক লোকও আসছে; তাদের হৃদয়ের ব্যাকুলতা দেখে তিনি স্থির থাকতে পারছেন না, মৃদুস্বরে তাদের সাধনপথগুলি দেখিয়ে দিচ্ছেন। এই কাজে তাঁর নিরন্তর উৎসাহ-আনন্দ দেখে ভক্তদের অনেকে ঠাকুরের ব্যাধিটাকে সামান্য ও সহজসাধ্য জ্ঞান করে নিশ্চিন্ত হচ্ছেন; কেউ কেউ আবার, নবাগত ব্যক্তিদের কৃপা করার এবং বহুজনের মধ্যে ধর্মভাব প্রচারের জন্য ঠাকুর স্বেচ্ছায় শারীরিক ব্যাধিরূপ উপায় কিছুকালের জন্য অবলম্বন করেছেন—এমন মত প্রকাশ করে সকলকে নিঃশঙ্ক করতে চেষ্টা করছে।
ডাক্তার মহেন্দ্রলাল কোনো দিন সকালে এবং কোনো দিন বিকেলে প্রায় রোজই আসছেন এবং রোগের হ্রাসবৃদ্ধি পরীক্ষা করে ব্যবস্থাদি করার পর ঠাকুরের মুখে ভগবদালাপ শুনতে শুনতে এতই মুগ্ধ হয়ে যাচ্ছেন যে, তন্ময় হয়ে দু-তিন ঘণ্টা কেটে গেলেও বিদায় নিতে পারছেন না! আবার, প্রশ্নের উপর প্রশ্ন করে সেগুলির অদ্ভুত সমাধান শুনতে শুনতে বহুক্ষণ কেটে গেলে কখনও কখনও তিনি অনুতপ্ত হয়ে বলছেন, “আজ তোমাকে অনেকক্ষণ বকিয়েছি, অন্যায় হয়েছে; তা হোক, সারা দিন আর কারও সঙ্গে কোনো কথা বোলো না, তা হলেই আর কোনো অপকার হবে না; তোমার কথায় এমন আকর্ষণ যে, এই দেখ না—তোমার কাছে এলেই সব কাজকর্ম ফেলে দু-তিন ঘণ্টা না বসে আর উঠতে পারি না; জানতেই পারি না কোন দিক দিয়ে সময় চলে গেল! সে যা হোক, আর কারও সঙ্গে এমন করে এতক্ষণ ধরে কথা বোলো না; কেবল আমি এলে এভাবে কথা বলবে, তাতে দোষ হবে না।” (ডাক্তারের ও সকল ভক্তের হাসি)।
ঠাকুরের পরম ভক্ত শ্রীযুত সুরেন্দ্রনাথ মিত্র—যাঁকে তিনি কখনও কখনও ‘সুরেশ মিত্র’ বলতেন—তাঁর সিমলার বাড়িতে এ বছর পূজা এনেছেন। আগে তাঁদের বাড়িতে প্রতি বছর পূজা হত, কিন্তু একবার বিশেষ বিঘ্ন হওয়ায় অনেক দিন বন্ধ ছিল। বাড়ির কেউই আর এ পর্যন্ত পূজা আনতে সাহস করেননি; আবার কেউ এ নিয়ে উদ্যোগী হলে আর সকলে তাঁকে সেই সংকল্প থেকে নিরস্ত করতেন। ঠাকুরের বলে বলীয়ান সুরেন্দ্রনাথ দৈববিঘ্নের ভয় রাখতেন না এবং একবার কোনো কিছু করব বলে সংকল্প করলে কারও কোনো ওজর-আপত্তি গ্রাহ্য করতেন না। বাড়ির সকলে নানা চেষ্টা করেও তাঁকে এ বছর পূজার সংকল্প থেকে নিরস্ত করতে পারেননি। তিনি ঠাকুরকে জানিয়ে সমস্ত ব্যয়ভার নিজেই বহন করে শ্রীশ্রীজগদম্বাকে বাড়িতে এনেছেন। সুরেন্দ্রের আনন্দে নিরানন্দ কেবল এই যে, শরীর অসুস্থ থাকায় ঠাকুর আসতে পারবেন না। আবার পূজার অল্প দিন আগে দু-একজন অসুস্থ হয়ে পড়ায় তিনিই সেজন্য দোষী সাব্যস্ত হয়ে বাড়ির সকলের বিরক্তিভাজন হয়েছেন। কিন্তু এতেও বিচলিত না হয়ে সুরেন্দ্রনাথ ভক্তিভরে শ্রীশ্রীজগন্মাতার পূজা আরম্ভ করে দিলেন এবং সব গুরুভাইকে নিমন্ত্রণ করলেন।
সপ্তমীপূজা হয়ে গেছে, আজ মহাষ্টমী। শ্যামপুকুরের বাসায় ঠাকুরের কাছে অনেক ভক্ত একত্র হয়ে ভগবদালাপ ও ভজনাদি করে আনন্দ করছেন। ডাক্তারবাবু বিকেল চারটের সময় আসার কিছুক্ষণ পরেই নরেন্দ্রনাথ (স্বামী বিবেকানন্দ) ভজন আরম্ভ করলেন। সেই দিব্য স্বরলহরী শুনতে শুনতে সকলে আত্মহারা হয়ে পড়লেন। কাছে বসে থাকা ডাক্তারকে ঠাকুর সংগীতের ভাবার্থ মৃদুস্বরে বুঝিয়ে দিতে লাগলেন এবং কখনও বা অল্পক্ষণের জন্য সমাধিস্থ হয়ে পড়তে লাগলেন। ভক্তদের মধ্যেও কেউ কেউ ভাবাবেশে বাহ্যচৈতন্য হারালেন।
এভাবে প্রবল আনন্দপ্রবাহে ঘর জমজম করতে লাগল। দেখতে দেখতে রাত সাড়ে-সাতটা বেজে গেল। ডাক্তারের এতক্ষণে চৈতন্য হল। তিনি স্বামীজীকে পুত্রের মতো স্নেহে আলিঙ্গন করলেন এবং ঠাকুরের কাছে বিদায় নিয়ে দাঁড়াতেই ঠাকুরও হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে সহসা গভীর সমাধিমগ্ন হলেন। ভক্তেরা কানাকানি করতে লাগলেন, ‘এই সময় সন্ধিপূজা কিনা, সেইজন্য ঠাকুর সমাধিস্থ হয়েছেন! সন্ধিক্ষণের কথা না জেনে সহসা এই সময়ে দিব্যাবেশে সমাধিমগ্ন হওয়া কম বিচিত্র নয়!’ প্রায় আধঘণ্টা পরে তাঁর সমাধিভঙ্গ হল এবং ডাক্তারও বিদায় নিয়ে চলে গেলেন।
সমাধির সময় যা দেখেছিলেন, ঠাকুর এবার ভক্তদের তা এভাবে বলতে লাগলেন—“এখান থেকে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলে গেল। দেখলাম, তার ভক্তিতে প্রতিমায় মার আবেশ হয়েছে! তৃতীয় নয়ন দিয়ে জ্যোতিরশ্মি বেরোচ্ছে! দালানের ভিতরে দেবীর সামনে দীপমালা জ্বেলে দেওয়া হয়েছে, আর উঠোনে বসে সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে ‘মা’, ‘মা’ বলে কাঁদছে। তোমরা সকলে তার বাড়িতে এখনই যাও। তোমাদের দেখলে তার প্রাণ শীতল হবে।”
তারপর ঠাকুরকে প্রণাম করে স্বামী বিবেকানন্দ-প্রমুখ সকলে সুরেন্দ্রনাথের বাড়িতে গেলেন এবং তাঁকে জিজ্ঞাসা করে জানতে পারলেন, বাস্তবিকই দালানে ঠাকুর যে জায়গায় বলেছিলেন, সেই জায়গায় দীপমালা জ্বালা হয়েছিল এবং ঠাকুরের যখন সমাধি হয়, তখন সুরেন্দ্রনাথ প্রতিমার সামনে উঠোনে বসে প্রাণের আবেগে ‘মা’, ‘মা’ বলে প্রায় এক ঘণ্টা বালকের মতো উচ্চস্বরে কেঁদেছিলেন। ঠাকুরের সমাধিকালের দর্শন এমনভাবে বাহ্যঘটনার সঙ্গে মিলে যেতে দেখে ভক্তেরা বিস্ময়ে আনন্দে হতবুদ্ধি হয়ে রইলেন!
রাণী রাসমণি ও মথুরবাবু ভুল ধারণার বশে ঠাকুরকে যেভাবে পরীক্ষা করেন
সাধনকালের প্রথম চার বছরের কোনো এক সময়ে রানী রাসমণি ও তাঁর জামাতা মথুরামোহন ভেবেছিলেন, অখণ্ড ব্রহ্মচর্য পালনের ফলে ঠাকুরের মস্তিষ্ক বিকৃত হয়েছে, আর তা-ই আধ্যাত্মিক ব্যাকুলতা-রূপে প্রকাশ পাচ্ছে। ব্রহ্মচর্য ভঙ্গ হলে আবার শারীরিক স্বাস্থ্যলাভের সম্ভাবনা আছে ভেবে তাঁরা লছমীবাই-প্রমুখ হাবভাবসম্পন্না সুন্দরী বারনারীদের সাহায্যে তাঁকে প্রথমে দক্ষিণেশ্বরে এবং পরে কলিকাতার মেছুয়াবাজার পাড়ার এক বাড়িতে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন। ঠাকুর বলতেন, সেই সব নারীর মধ্যে শ্রীশ্রীজগন্মাতাকে দেখতে পেয়ে তিনি তখন ‘মা’, ‘মা’ বলতে বলতে বাহ্যচৈতন্য হারিয়েছিলেন এবং তাঁর ইন্দ্রিয় সংকুচিত হয়ে কূর্মাঙ্গের মতো শরীরের ভিতরে প্রবেশ করেছিল! সেই ঘটনা প্রত্যক্ষ করে এবং তাঁর বালকের মতো ব্যবহারে মুগ্ধ হয়ে ওই নারীদের হৃদয়ে বাৎসল্যের সঞ্চার হয়েছিল। তারপর তাঁকে ব্রহ্মচর্যভঙ্গে প্রলুব্ধ করতে গিয়ে অপরাধ করেছে ভেবে তারা সজলনয়নে তাঁর কাছে ক্ষমা চেয়ে এবং তাঁকে বারংবার প্রণাম করে সশঙ্কচিত্তে বিদায়গ্রহণ করেছিল।
[1] Enlargement of the Coccyx.
[2] অশ্বত্থবিল্ববৃক্ষঞ্চ বটধাত্রী–অশোককম্।
বটীপঞ্চকমিত্যুক্তং স্থাপয়েৎ পঞ্চদিক্ষু চ॥
অশ্বত্থং স্থাপয়েৎ প্রাচি বিল্বমুত্তরভাগতঃ।
বটং পশ্চিমভাগে তুং ধাত্রীং দক্ষিণতস্তথা॥
অশোকং বহ্নিদিক্স্থাপ্যং তপস্যার্থং সুরেশ্বরী।
মধ্যে বেদীং চতুর্হস্তাং সুন্দরীং সুমনোহরাম্॥
ইতি – স্কন্দপুরাণ
[3] গুরুভাব – পূর্বার্ধ, দ্বিতীয় অধ্যায়।
[4] গুরুভাব – উত্তরার্ধ, দ্বিতীয় অধ্যায়।
[5] গুরুভাব – উত্তরার্ধ, প্রথম অধ্যায়।
[6] গুরুভাব – উত্তরার্ধ, প্রথম অধ্যায়।
[7] গুরুভাব – উত্তরার্ধ, ৪র্থ অধ্যায়।
[8] গোকুলচন্দ্র ভট্টাচার্যের বাড়ি।
ঠাকুরের কামারপুকুরে আগমন
এদিকে ঠাকুর পূজাকার্য ছেড়ে দিয়েছেন, এই সংবাদ কামারপুকুরে তাঁর মা ও ভাইয়ের কানে পৌঁছে তাঁদের বিশেষ ভাবিয়ে তুলল। রামকুমারের মৃত্যুর পর দুই বছর যেতে না যেতে ঠাকুর বায়ুরোগে আক্রান্ত হয়েছেন শুনে জননী চন্দ্রমণি দেবী এবং শ্রীযুত রামেশ্বর বিশেষ চিন্তিত হলেন। লোকে বলে, মানুষের অদৃষ্টে যখন দুঃখ আসে তখন একটিমাত্র দুর্ঘটনায় সে দুঃখের পরিসমাপ্তি হয় না, বরং নানারকম দুঃখ চারদিক থেকে উপর্যুপরি এসে তার জীবনাকাশ একেবারে আচ্ছন্ন করে—এঁদের জীবনে এখন তেমনই হল। গদাধর চন্দ্রাদেবীর পরিণত বয়সে পাওয়া আদরের ছোট ছেলে ছিলেন। সুতরাং শোকে দুঃখে অধীর হয়ে চন্দ্রাদেবী ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনলেন এবং তাঁর উদাসীন, চঞ্চল ভাব ও ‘মা’, ‘মা’ রবে কাতর কান্নায় নিতান্ত ব্যাকুল হয়ে প্রতিকারের নানারকম চেষ্টা করতে লাগলেন। ওষুধপত্র ব্যবহারের সঙ্গে সঙ্গে শান্তি, স্বস্ত্যয়ন, ঝাড়ফুঁক প্রভৃতি নানা দৈব প্রক্রিয়ার অনুষ্ঠান হতে লাগল। তখন সন ১২৬৫ সালের আশ্বিন বা কার্তিক মাস হবে।
ঠাকুর উপদেবতাবিষ্ট হয়েছেন বলে আত্মীয়দের ধারণা
বাড়িতে ফিরে ঠাকুর সময়ে সময়ে আগের মতো প্রকৃতিস্থ থাকলেও মধ্যে মধ্যে ‘মা’, ‘মা’ রবে ব্যাকুলভাবে কাঁদতেন এবং কখনো কখনো ভাবাবেশে বাহ্যজ্ঞানশূন্য হয়ে পড়তেন। তাঁর চালচলন-আচরণ কখনো সাধারণ মানুষের মতো এবং কখনো তার সম্পূর্ণ বিপরীত হত। এই কারণে এখন তাঁর মধ্যে একদিকে যেমন সত্য, সরলতা, দেবভক্তি ও মাতৃভক্তি এবং বয়স্য-প্রেমের প্রকাশ দেখা যেত, অন্যদিকে তেমনই সাংসারিক সব বিষয়ে উদাসীনতা, সাধারণের অপরিচিত কোনো এক বিষয় লাভের জন্য ব্যাকুলতা এবং লজ্জা, ঘৃণা ও ভয়শূন্য হৃদয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছবার উদ্দাম চেষ্টা সতত লক্ষ করা যেত। এতে লোকের মনে তাঁর সম্বন্ধে এক অদ্ভুত বিশ্বাস জন্মেছিল। তারা ভেবেছিল, তিনি উপদেবতাবিষ্ট হয়েছেন।
ওঝা আনিয়ে চণ্ড নামানো
ঠাকুরের মা সরলহৃদয়া চন্দ্রাদেবীর প্রাণে সেই কথা এর আগে কখনো কখনো জেগেছিল। এখন অন্যেরাও সেরকম আলোচনা করছে শুনে তিনি ছেলের কল্যাণের জন্য ওঝা আনাতে ঠিক করলেন। ঠাকুর বলতেন—“একদিন একজন ওঝা এসে একটা মন্ত্রপূত পলতে পুড়িয়ে শুঁকতে দিল; বলল, যদি ভূত হয় তো পালিয়ে যাবে। কিন্তু কিছুই হল না! পরে কয়েকজন প্রধান ওঝা পূজাদি করে একদিন রাতে চণ্ড নামাল। চণ্ড পূজা ও বলি গ্রহণ করে প্রসন্ন হয়ে তাদের বলল, ‘ওকে ভূতে পায়নি বা ওর কোনো ব্যাধি হয়নি!’ —পরে সকলের সমক্ষে আমাকে ডেকে বলল, ‘গদাই, তুমি সাধু হতে চাও, তবে অত সুপারি খাও কেন? অধিক সুপারি খাইলে কামবৃদ্ধি হয়!’ এর আগে সত্যিই আমি সুপারি খেতে বড় ভালোবাসতাম এবং যখন-তখন খেতাম; চণ্ডের কথায় সেই থেকে তা ছেড়ে দিলাম!” ঠাকুরের বয়স তখন তেইশ বছর পূর্ণ হতে চলেছে।
ঠাকুরের প্রকৃতিস্থ হওয়ার কারণ সম্বন্ধে তাঁর আত্মীয়স্বজনের কথা
কামারপুকুরে কয়েক মাস থাকার পর তিনি অনেকটা প্রকৃতিস্থ হলেন। শ্রীশ্রীজগদম্বার অদ্ভুত দর্শনাদি বারংবার লাভ করেই তিনি এখন শান্ত হতে পারলেন। এই সময়ের অনেক কথা আমরা তাঁর আত্মীয়স্বজনের কাছে শুনেছি। তা থেকেই আমাদের মনে এই ধারণা হয়েছে। এবার সেসব কথা আমরা পাঠককে বলব।
সেই সময়ে ঠাকুরের যোগ বিভূতির কথা
কামারপুকুরের পশ্চিম ও উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত ‘ভূতির খাল’ এবং ‘বুধুই মোড়ল’ নামের দুটি শ্মশানে দিনরাতের অনেকটা সময় তিনি একা কাটাতেন। তাঁর মধ্যে অদৃষ্টপূর্ব শক্তিপ্রকাশের কথাও তাঁর আত্মীয়েরা তখন জানতে পেরেছিলেন। এঁদের কাছে শুনেছি, সেই দুই শ্মশানের শিবা এবং উপদেবতাদের উদ্দেশে তিনি এই সময়ে মধ্যে মধ্যে বলি দিতেন। নতুন হাঁড়িতে মিষ্টান্নাদি খাবার নিয়ে সেই দুই জায়গায় গিয়ে বলি নিবেদন করামাত্র শিবারা চারদিক থেকে দলে দলে এসে তা খেয়ে ফেলত এবং উপদেবতাদের উদ্দেশে নিবেদিত আহার্যপূর্ণ হাঁড়িগুলি বায়ুভরে উপরে উঠে শূন্যে লীন হয়ে যেত! সেই উপদেবতাদের তিনি অনেক সময় দেখতে পেতেন। রাত দুপুর পেরিয়ে গেলেও কোনো কোনো দিন ছোট ভাইকে বাড়ি ফিরতে না দেখে ঠাকুরের মেজদা শ্রীযুত রামেশ্বর শ্মশানের কাছে গিয়ে ভাইয়ের নাম ধরে উচ্চস্বরে ডাকতে থাকতেন। ঠাকুর তা শুনে তাঁকে সতর্ক করে দেওয়ার জন্য উচ্চকণ্ঠে বলতেন, “যাচ্চি গো, দাদা; তুমি এদিকে আর অগ্রসর হয়ো না, তা হলে এরা (উপদেবতারা) তোমার অপকার করবে।” ভূতির খালের পাশের শ্মশানে তিনি এই সময়ে একটি বিল্ববৃক্ষ স্বহস্তে রোপণ করেছিলেন এবং শ্মশানের মধ্যে যে প্রাচীন অশ্বত্থবৃক্ষ ছিল, তার তলায় বসে অনেক সময় জপ-ধ্যানে কাটাতেন। ঠাকুরের আত্মীয়স্বজনের এসব কথা থেকে বোঝা যায়, জগদম্বার দর্শনলালসায় তিনি আগে যে বিষম অভাব প্রাণে অনুভব করেছিলেন, তা কতকগুলি অপূর্ব দর্শন ও উপলব্ধির দ্বারা এই সময়ে প্রশমিত হয়েছিল। তাঁর এই সময়ের জীবনালোচনা করে মনে হয়, শ্রীশ্রীজগদম্বার অসি-মুণ্ডধরা বরাভয়করা সাধকানুগ্রহকারিণী চিন্ময়ী মূর্তির দর্শন তিনি এখন প্রায় সর্বদা লাভ করতেন এবং তাঁকে যখন যা প্রশ্ন করতেন, তার উত্তর পেয়ে সেই অনুযায়ী নিজের জীবন চালাতেন। মনে হয়, তখন থেকে তাঁর প্রাণে দৃঢ় ধারণা হয়েছিল, শ্রীশ্রীজগন্মাতার বাধামাত্রশূন্য নিরন্তর দর্শন তাঁর ভাগ্যে অচিরে ঘটবে।
ভবিষ্যৎ-দর্শনরূপ বিভূতির প্রকাশও এই সময়ে ঠাকুরের জীবনে দেখা যায়। হৃদয়রাম এবং কামারপুকুর ও জয়রামবাটীর অনেকে এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। ঠাকুরের শ্রীমুখে আমরা এ কথার ইঙ্গিত কখনো কখনো পেয়েছি। নিম্নলিখিত ঘটনাবলি থেকে পাঠক তা বুঝতে পারবেন।
ঠাকুরকে প্রকৃতিস্থ দেখে আত্মীয়স্বজনের বিবাহদানের সংকল্প
ঠাকুরের আচরণ ও কার্যকলাপ দেখে তাঁর মা ও অন্যদের ধারণা হয়েছিল, দৈবকৃপায় তাঁর বায়ুরোগ এখন অনেকটা কমেছে। কারণ, তাঁরা দেখছিলেন, তিনি এখন আগের মতো ব্যাকুলভাবে কাঁদেন না, খাওয়াদাওয়া যথাসময়ে করেন এবং প্রায় সব বিষয়ে সাধারণ মানুষের মতো আচরণ করেন। সর্বদা ঠাকুর-দেবতা নিয়ে থাকা, শ্মশানে ঘুরে বেড়ানো, পরনের কাপড় ছেড়ে কখনো কখনো ধ্যানপূজাদির অনুষ্ঠান এবং এ নিয়ে কারও নিষেধ না মানা প্রভৃতি কয়েকটি আচরণ অনন্যসাধারণ হলেও, তিনি চিরকাল এসব করতেন বলে সেগুলিকে বায়ুরোগের পরিচয় ভাবার কারণ তাঁরা দেখেননি। কিন্তু সাংসারিক সব বিষয়ে তাঁর পূর্ণমাত্রায় উদাসীনতা এবং নিরন্তর উন্মনা ভাব দূর করার জন্য তাঁরা তখনও বিশেষ চিন্তিত ছিলেন। সাংসারিক বিষয়ে দৃষ্টি আকৃষ্ট হয়ে সেই ভাবটা যতদিন না প্রশমিত হচ্ছে, ততদিন তাঁর আবার বায়ুরোগে আক্রান্ত হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে—এ কথা তাঁদের মনে বারবার জাগত। সেই রোগের হাত থেকে তাঁকে রক্ষা করার জন্য ঠাকুরের স্নেহময়ী মা ও দাদা এখন পরামর্শ করে স্থির করলেন, উপযুক্ত পাত্রী দেখে তাঁর বিবাহ দেবেন। কারণ, সদ্বংশীয়া সুশীলা স্ত্রীর প্রতি ভালোবাসা পড়লে তাঁর মন নানা বিষয়ে সঞ্চরণ না করে নিজের সাংসারিক অবস্থার উন্নতিসাধনেই রত থাকবে।
গদাধরের বিবাহে সম্মতিদানের কথা
গদাধর জানতে পারলে পাছে ওজর-আপত্তি করে, এজন্য মা ও দাদার মধ্যে সেই পরামর্শ আড়ালে হয়েছিল। চতুর গদাধরের কিন্তু সে কথা জানতে বেশি দেরি হয়নি। জানতে পেরেও তিনি তাতে কোনো আপত্তি করেননি। বাড়িতে কোনো একটা অভিনব ব্যাপার ঘটলে ছেলেমেয়েরা যেমন আনন্দ করে, তেমনই আচরণ করেছিলেন। শ্রীশ্রীজগন্মাতার কাছে নিবেদন করে এ বিষয়ে কী কর্তব্য তা জেনেই কি তিনি আনন্দ প্রকাশ করেছিলেন, অথবা বালকের মতো ভবিষ্যদ্দৃষ্টির অভাব ও চিন্তাহীনতাই তাঁর এমন করার কারণ? পাঠক দেখতে পাবেন, আমরা সে সম্বন্ধে অন্যত্র যথাসাধ্য আলোচনা করেছি।[1]
বিবাহের জন্য ঠাকুরের পাত্রীনির্বাচন
যা হোক, চারদিকের গ্রামগুলিতে লোক পাঠানো হল, কিন্তু মনের মতো পাত্রীর সন্ধান পাওয়া গেল না। যে কয়েকটি পাওয়া গেল, তাদের বাবা-মা অত্যধিক পণ চাওয়ায় রামেশ্বর সেসব জায়গায় ভাইয়ের বিবাহ দিতে সাহস করলেন না। এভাবে অনেক খোঁজ করেও পাত্রী মিলছে না দেখে চন্দ্রাদেবী ও রামেশ্বর যখন নিতান্ত বিরস ও চিন্তামগ্ন হয়েছেন, তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তাঁদের বললেন—“অন্যত্র অনুসন্ধান বৃথা, জয়রামবাটী গ্রামের শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে বিবাহের পাত্রী কুটো বেঁধে রাখা আছে!”[2]
বিবাহ
সে কথায় বিশ্বাস না করলেও ঠাকুরের মা ও ভাই সেখানে খোঁজ নিতে লোক পাঠালেন। লোক গিয়ে খবর আনল, অন্য সব বিষয়ে যা-ই হোক, পাত্রী কিন্তু নিতান্ত বালিকা, বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছে। এমন অপ্রত্যাশিতভাবে সন্ধান পেয়ে চন্দ্রাদেবী সেখানেই ছেলের বিবাহ দিতে রাজি হলেন এবং অল্পদিনের মধ্যেই সব বিষয়ের কথাবার্তা ঠিক হয়ে গেল। তারপর শুভদিনে শুভমুহূর্তে শ্রীযুত রামেশ্বর কামারপুকুরের দুই ক্রোশ পশ্চিমে অবস্থিত জয়রামবাটী গ্রামে ভাইকে নিয়ে গিয়ে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের পাঁচ বছরের একমাত্র কন্যার সঙ্গে শুভ-পরিণয়ক্রিয়া সম্পন্ন করিয়ে এলেন। বিবাহে তিনশো টাকা পণ লাগল। তখন সন ১২৬৬ সালের বৈশাখ মাসের শেষভাগ এবং ঠাকুর চব্বিশ বছরে পা দিয়েছেন।
বিবাহের পরে শ্রীমতী চন্দ্রমণি এবং ঠাকুরের আচরণ
গদাধরের বিবাহ দিয়ে শ্রীমতী চন্দ্রমণি অনেকটা নিশ্চিন্ত হয়েছিলেন। বিবাহের ব্যাপারে ছেলেকে তাঁর কথা রাখতে দেখে তিনি ভেবেছিলেন, দেবতা এতদিনে মুখ তুলে চেয়েছেন। উন্মনা ছেলে ঘরে ফিরল, সদ্বংশীয়া পাত্রী জুটল, টাকার অনটনও অচিন্তনীয়ভাবে মিটে গেল; অতএব দৈব অনুকূল নন, এ কথা আর কেমন করে বলা যায়? সুতরাং সরলহৃদয়া ধর্মপরায়ণা চন্দ্রাদেবী যে তখন কিছুটা সুখী হয়েছিলেন, এ কথা আমরা বলতে পারি। কিন্তু বেয়াইয়ের মনস্তুষ্টি ও বাইরের সম্ভ্রম রক্ষার জন্য জমিদার বন্ধু লাহাবাবুদের বাড়ি থেকে যে গহনাগুলি চেয়ে নিয়ে বধূকে বিবাহের দিন সাজিয়ে এনেছিলেন, কয়েক দিন পরে সেগুলি ফিরিয়ে দেওয়ার সময় যখন এল, তখন তিনি যে আবার নিজের সংসারের দারিদ্র্যচিন্তায় অভিভূত হয়েছিলেন, এ-ও স্পষ্ট বোঝা যায়। নববধূকে তিনি বিবাহের দিন থেকে আপন করে নিয়েছিলেন। বালিকার গা থেকে অলংকারগুলি তিনি কোন প্রাণে খুলে নেবেন, এই চিন্তায় বৃদ্ধার চোখ এখন জলে ভরে এল। অন্তরের কথা তিনি কাউকে না বললেও গদাধরের তা বুঝতে দেরি হয়নি। তিনি মাকে শান্ত করে ঘুমন্ত বধূর গা থেকে গহনাগুলি এমন কৌশলে খুলে নিলেন যে, বালিকা তার কিছুই জানতে পারল না। বুদ্ধিমতী বালিকা কিন্তু ঘুম ভেঙে বলল, “আমার গায়ে যে এরকম সব গহনা ছিল, সেসব কোথায় গেল?” চন্দ্রাদেবী তা শুনে সজলনয়নে তাকে কোলে নিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, “মা! গদাধর তোমাকে ওসবের চেয়েও ভালো অলংকার এরপর কত দেবে!” এখানেই কিন্তু ব্যাপারটার শেষ হল না। মেয়ের কাকা সেদিন তাকে দেখতে এসে সে কথা জানতে পারলেন এবং অসন্তোষ প্রকাশ করে সেদিনই তাকে বাপের বাড়ি নিয়ে গেলেন। এই ঘটনায় মা মনে বিশেষ বেদনা পেয়েছেন দেখে গদাধর তাঁর সেই দুঃখ দূর করার জন্য পরিহাসচ্ছলে বললেন, “ওরা এখন যা-ই বলুক আর করুক না, বিয়ে তো আর ফিরবে না!”
ঠাকুরের কলিকাতায় পুনরাগমন
বিবাহের পর ঠাকুর প্রায় এক বছর সাত মাস কামারপুকুরেই কাটিয়েছিলেন। বোধ হয়, শরীর সম্পূর্ণ সুস্থ না হয়ে কলিকাতায় ফিরলে আবার তাঁর বায়ুরোগ হতে পারে, এই আশঙ্কা করে শ্রীমতী চন্দ্রাদেবী তাঁকে সহজে যেতে দেননি। যা হোক, সন ১২৬৭ সালের অগ্রহায়ণ মাসে বধূ সাত বছরে পা দিলে কুলপ্রথা অনুসারে তাঁকে কয়েক দিনের জন্য শ্বশুরবাড়ি গিয়ে শুভদিন দেখে পত্নীকে নিয়ে একসঙ্গে কামারপুকুরে আসতে হয়েছিল। এভাবে ‘জোড়ে’ আসার অল্পদিন পরে তিনি কলিকাতায় ফেরার সংকল্প করলেন। মা ও ভাই তাঁকে কামারপুকুরে আরও কিছুদিন থাকতে বললেও সংসারের অভাব-অনটনের কথা তাঁর অজানা ছিল না। সেজন্য তাঁদের কথা না শুনে তিনি কালীবাড়িতে ফিরে আগের মতো শ্রীশ্রীজগদম্বার সেবাকার্যে ব্রতী হলেন।
ঠাকুরের দ্বিতীয়বার দিব্যোন্মাদ অবস্থা
কলিকাতায় ফিরে কয়েকদিন পূজা করতে না করতেই তাঁর মন সেই কাজে এত তন্ময় হয়ে গেল যে, মা, ভাই, স্ত্রী, সংসার, অনটন প্রভৃতি কামারপুকুরের সব কথা তাঁর মনের এক নিভৃত কোণে চাপা পড়ে গেল এবং শ্রীশ্রীজগন্মাতাকে সব সময়ে সকলের মধ্যে কীভাবে দেখতে পাবেন—এই বিষয়ই মনের সব জায়গা অধিকার করে বসল। দিনরাত স্মরণ, মনন, জপ, ধ্যানে তাঁর বুক পুনরায় সর্বক্ষণ আরক্তিম হয়ে রইল, সংসার ও সাংসারিক বিষয়ের প্রসঙ্গ বিষের মতো বোধ হতে লাগল, বিষম গাত্রদাহ আবার দেখা দিল এবং নয়নকোণ থেকে নিদ্রা যেন দূরে কোথায় সরে গেল! তবে, এইরকম শারীরিক ও মানসিক অবস্থা আগে একবার অনুভব করেছিলেন বলে তিনি এতে আগের মতো একেবারে আত্মহারা হয়ে পড়লেন না।
হৃদয়ের কাছে শুনেছি, মথুরবাবুর নির্দেশে কলিকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ গঙ্গাপ্রসাদ এই সময়ে ঠাকুরের বায়ুপ্রকোপ, অনিদ্রা ও গাত্রদাহাদি রোগের উপশমের জন্য নানারকম ওষুধ ও তেল ব্যবহারের ব্যবস্থা করেছিলেন। চিকিৎসায় আশু ফল না পেলেও, হৃদয় নিরাশ না হয়ে মধ্যে মধ্যে ঠাকুরকে সঙ্গে নিয়ে কবিরাজের কলিকাতার বাড়িতে যেত। ঠাকুর বলতেন, “একদিন এভাবে আমরা গঙ্গাপ্রসাদের বাড়িতে গেলে তিনি চিকিৎসায় আশানুরূপ ফল হচ্ছে না দেখে চিন্তিত হলেন এবং বিশেষভাবে পরীক্ষা করে নতুন ব্যবস্থা করতে লাগলেন। পূর্ববঙ্গের অন্য একজন বৈদ্যও তখন সেখানে উপস্থিত ছিলেন। রোগের লক্ষণগুলি শুনতে শুনতে তিনি বললেন, ‘এঁর দিব্যোন্মাদ অবস্থা বলে বোধ হচ্ছে; এ যোগজ ব্যাধি; ওষুধে সারবার নয়।’[3] আমার যে শারীরিক বিকারগুলি ব্যাধির মতো প্রতীয়মান হত, সেগুলির যথার্থ কারণ সেই বৈদ্যই প্রথম নির্দেশ করতে পেরেছিলেন। কিন্তু কেউই তখন তাঁর কথায় আস্থা রাখেনি।” এভাবে মথুরবাবু প্রমুখ ঠাকুরের হিতৈষী বন্ধুরা তাঁর অসাধারণ ব্যাধির জন্য চিন্তিত হয়ে নানাভাবে চিকিৎসা করিয়েছিলেন। রোগের কিন্তু উপশম হল না, বরং ক্রমশ বেড়েই চলল।
চন্দ্রাদেবীর হত্যাদান
সংবাদ ক্রমে কামারপুকুরে পৌঁছল। শ্রীমতী চন্দ্রাদেবী উপায়ান্তর না দেখে পুত্রের কল্যাণকামনায় ৺মহাদেবের কাছে হত্যা দেওয়ার সংকল্প স্থির করলেন, এবং কামারপুকুরের ‘বুড়ো শিব’কে জাগ্রত দেবতা জেনে তাঁরই মন্দিরপ্রান্তে প্রায়োপবেশন করে পড়ে রইলেন। ‘মুকুন্দপুরের শিবের কাছে হত্যা দিলে তাঁর মনোভিলাষ পূর্ণ হবে’—তিনি এখানে এই প্রত্যাদেশ লাভ করলেন এবং সেখানে গিয়ে আবার প্রায়োপবেশনের অনুষ্ঠান করলেন। মুকুন্দপুরের শিবের কাছে এর আগে কামনাপূরণের জন্য কেউ হত্যা দিত না। প্রত্যাদিষ্টা বৃদ্ধা তা জেনেও মনে কিছুমাত্র দ্বিধা করলেন না। দুই-তিন দিন পরেই তিনি স্বপ্নে দেখলেন, জ্বলজ্জটাসুশোভিত বাঘাম্বরপরিহিত রজতদলিতকান্তি মহাদেব সামনে আবির্ভূত হয়ে তাঁকে সান্ত্বনা দিয়ে বলছেন—‘ভয় নেই, তোমার পুত্র পাগল হয়নি, ঐশ্বরিক আবেশে তার এমন অবস্থা হয়েছে!’ ধর্মপরায়ণা বৃদ্ধা এমন দেবাদেশে আশ্বস্ত হয়ে ভক্তিপূতচিত্তে শ্রীশ্রীমহাদেবের পূজা দিয়ে বাড়ি ফিরলেন এবং পুত্রের মানসিক বিকার শান্তির জন্য কুলদেবতা ৺রঘুবীর ও ৺শীতলামাতার একমনে সেবা করতে লাগলেন। শুনেছি, মুকুন্দপুরের শিবের কাছে সেই থেকে অনেক নরনারী প্রতি বছর হত্যা দিয়ে সফলকাম হয়ে আসছে।
ঠাকুরের এই সময়ের অবস্থা
ঠাকুর তাঁর এই সময়ের দিব্যোন্মাদ অবস্থার কথা স্মরণ করে আমাদের কত সময় বলেছেন—“আধ্যাত্মিক ভাবের প্রাবল্যে সাধারণ জীবের শরীর-মনে এমন হওয়া তো দূরের কথা, এর এক-চতুর্থাংশ বিকার দেখা দিলে শরীরত্যাগ হয়। দিনরাতের বেশির ভাগ সময় মার কোনো না কোনো দর্শনাদি পেয়ে ভুলে থাকতাম, তাই রক্ষা, নইলে (নিজের শরীর দেখিয়ে) এ খোলটা থাকা অসম্ভব হত। তখন থেকে আরম্ভ করে দীর্ঘ ছয় বছর তিলমাত্র ঘুম হয়নি। চোখ পলকশূন্য হয়ে গিয়েছিল, সময়ে সময়ে চেষ্টা করেও পলক ফেলতে পারতাম না! কত কাল কেটে গেল, তার জ্ঞান থাকত না এবং শরীর বাঁচিয়ে চলতে হবে, এ কথা প্রায় ভুলে গিয়েছিলাম। শরীরের দিকে যখন একটু-আধটু দৃষ্টি পড়ত, তখন তার অবস্থা দেখে বিষম ভয় হত; ভাবতাম, পাগল হতে বসেছি নাকি? আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখতাম, চোখের পলক এতেও পড়ে কি না। তাতেও চোখ একইভাবে পলকশূন্য হয়ে থাকত। ভয়ে কেঁদে ফেলতাম এবং মাকে বলতাম—‘মা, তোকে ডাকার ও তোর উপর একান্ত বিশ্বাসে নির্ভর করার কি এই ফল হলো? শরীরে বিষম ব্যাধি দিলি?’ আবার পরক্ষণেই বলতাম, ‘তা যা হবার হকগে, শরীর যায় যাক, তুই কিন্তু আমায় ছাড়িসনি, আমায় দেখা দে, কৃপা কর, আমি যে মা তোর পাদপদ্মে একান্ত শরণ নিয়েছি, তুই ভিন্ন আমার যে আর অন্য গতি একেবারেই নাই!’ এভাবে কাঁদতে কাঁদতে মন আবার অদ্ভুত উৎসাহে উদ্দীপ্ত হয়ে উঠত, শরীরটাকে অতি তুচ্ছ হেয় বলে মনে হত এবং মার দর্শন পেয়ে ও অভয়বাণী শুনে আশ্বস্ত হতাম!”
মথুরবাবুর ঠাকুরকে শিব–কালীরূপে দর্শন
শ্রীশ্রীজগন্মাতার অচিন্ত্য বিধানে মথুরবাবু এই সময়ে একদিন ঠাকুরের মধ্যে অদ্ভুত দেবপ্রকাশ অযাচিতভাবে দেখতে পেয়ে বিস্মিত ও স্তম্ভিত হয়েছিলেন। কীভাবে তিনি সেদিন ঠাকুরের ভিতর শিব ও কালীমূর্তি দর্শন করে তাঁকে জীবন্ত দেবতাজ্ঞানে পূজা করেছিলেন, তা আমরা অন্যত্র বলেছি।[4] সেদিন থেকে তিনি যেন দৈবশক্তিপ্রভাবে ঠাকুরকে ভিন্ন চোখে দেখতে এবং সর্বদা ভক্তিবিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন। এমন অঘটন-ঘটনা দেখে স্পষ্ট মনে হয়, ঠাকুরের সাধকজীবনে এই সময় থেকে মথুরের সহায়তা ও আনুকূল্যের বিশেষ প্রয়োজন হবে বলেই ইচ্ছাময়ী জগন্মাতা তাঁদের উভয়কে অবিচ্ছেদ্য প্রেমবন্ধনে আবদ্ধ করেছিলেন। সন্দেহবাদী, জড়বাদী ও নাস্তিক্যপ্রবণ বর্তমান যুগে ধর্মগ্লানি দূর করে জীবন্ত অধ্যাত্মশক্তি-সংক্রমণের জন্য ঠাকুরের শরীরমনরূপ যন্ত্রটিকে শ্রীশ্রীজগদম্বা কত যত্নে ও কী অদ্ভুত উপায় অবলম্বন করে নির্মাণ করেছিলেন, এমন সব ঘটনায় তার প্রমাণ পেয়ে স্তম্ভিত হতে হয়।
[1] গুরুভাব – পূর্বার্ধ, ৪র্থ অধ্যায়।
[2] গুরুভাব – পূর্বার্ধ, ৪র্থ অধ্যায়।
[3] কেউ কেউ বলেন, ৺গঙ্গাপ্রসাদের ভাই শ্রীযুক্ত দুর্গাপ্রসাদই ঠাকুরকে ওই কথা বলেছিলেন।
[4] গুরুভাব – পূর্বার্ধ, ৬ষ্ঠ অধ্যায়।
রাণী রাসমণির সাংঘাতিক অসুখ
সন ১২৬৭ সালের শেষভাগে, ইংরেজি ১৮৬১ খ্রিস্টাব্দে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফেরার পরে ঠাকুরের জীবনে দুটি ঘটনা ঘটল। ঘটনা দুটি তাঁর জীবনে বিশেষ পরিবর্তন এনেছিল। সেজন্য সেগুলির কথা আমাদের আলোচনা করা আবশ্যক। ১৮৬১ খ্রিস্টাব্দের শুরুতে রানী রাসমণি গ্রহণীরোগে আক্রান্ত হন। ঠাকুরের কাছে শুনেছি, রানী সেই সময়ে একদিন সহসা পড়ে যান। তা থেকেই জ্বর, গায়ে ব্যথা ও অজীর্ণ প্রভৃতি ক্রমে ক্রমে দেখা দেয় এবং সেই রোগের সঞ্চার হয়। ব্যাধি অল্প সময়ের মধ্যে সাংঘাতিক রূপ নিয়েছিল।
রাণীর দিনাজপুরের সম্পত্তি দেবোত্তর করা ও মৃত্যু
আমরা ইতিপূর্বে বলেছি, সন ১২৬২ সালের ১৮ জ্যৈষ্ঠ, ইংরেজি ১৮৫৫ খ্রিস্টাব্দের মে মাসের ৩১ তারিখ বৃহস্পতিবার রানী দক্ষিণেশ্বরে দেবী-প্রতিষ্ঠা করেন। ঠাকুরবাড়ির ব্যয়নির্বাহের জন্য তিনি সেই বছর ১৪ ভাদ্র, ইংরেজি ২৯ আগস্ট তারিখে দিনাজপুর জেলার অন্তর্গত তিন লাট জমিদারি দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকায় কিনেছিলেন।[1] কিন্তু মনে মনে সংকল্প থাকলেও এতদিন তিনি সেই সম্পত্তি দানপত্র করে দেবোত্তরে পরিণত করেননি। আসন্নকাল উপস্থিত দেখে তা করার জন্য তিনি এখন ব্যস্ত হয়ে উঠলেন। কালীবাড়ি-প্রতিষ্ঠার আগেই রানীর চার মেয়ের মধ্যে মেজ ও সেজ, শ্রীমতী কুমারী ও শ্রীমতী করুণাময়ী দাসীর মৃত্যু হয়েছিল। সুতরাং তাঁর মৃত্যুশয্যার পাশে তাঁর বড় ও ছোট দুই মেয়ে শ্রীমতী পদ্মমণি ও শ্রীমতী জগদম্বা দাসীই উপস্থিত ছিলেন। দানপত্র সম্পন্ন করার সময় তিনি ভবিষ্যৎ ভেবে সেই সম্পত্তির অযথা ব্যবহারের পথ একেবারে রুদ্ধ করার উদ্দেশ্যে নিজের দুই মেয়েকে দেবোত্তর করায় সম্মতি দিয়ে আলাদা একটি অঙ্গীকারপত্রে সই করতে বলেছিলেন। শ্রীমতী জগদম্বা সেই পত্রে সই করলেন, কিন্তু বড় মেয়ে পদ্মমণি বহু অনুরোধেও তাতে সই দিলেন না। সেজন্য মৃত্যুশয্যায় শুয়েও রানী শান্তিলাভ করতে পারেননি। অগত্যা, ৺জগদম্বার ইচ্ছায় যা হবার হবে ভেবে রানী ১৮৬১ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি তারিখে দেবোত্তর-দানপত্রে সই করলেন[2] এবং এই কাজ সমাধা করার পরদিন ১৯ ফেব্রুয়ারি তারিখে রাতে শরীরত্যাগ করে ৺দেবীলোকে গমন করলেন।
শরীররক্ষা করার সময় রাণীর দর্শন
ঠাকুর বলতেন, শরীরত্যাগের কিছুদিন আগে রানী রাসমণি ৺কালীঘাটে আদিগঙ্গার তীরের বাড়িতে এসে বাস করেছিলেন। দেহরক্ষার ঠিক আগে তাঁকে গঙ্গাগর্ভে আনা হলে সামনে অনেকগুলি আলো জ্বালা রয়েছে দেখে তিনি সহসা বলে উঠেছিলেন, “সরিয়ে দে, সরিয়ে দে, ও সব রোশনাই আর ভাল লাগছে না, এখন আমার মা (শ্রীশ্রীজগন্মাতা) আসছেন, তাঁর শ্রীঅঙ্গের প্রভায় চারিদিক আলোকময় হয়ে উঠেছে!” (কিছুক্ষণ পরে) “মা, এলে! পদ্ম যে সহি দিলে না—কী হবে, মা?” এ কথার উত্তর দিয়েই যেন শিবাকুল তখন চারদিক থেকে উচ্চস্বরে ডেকে উঠল। কথাগুলি বলেই পুণ্যবতী রানী শান্তভাবে মাতৃক্রোড়ে মহাসমাধিতে শয়ন করলেন। রাত্রি তখন দ্বিতীয় প্রহর পেরিয়ে গেছে।
রাণী মৃত্যুকালে যা আশঙ্কা করেন তা-ই হতে বসেছে
কালীবাড়ির দেবোত্তর সম্পত্তি নিয়ে রানী রাসমণির দৌহিত্রদের মধ্যে পরবর্তী কালে যে বহুল বিবাদ-বিসংবাদ ও মোকদ্দমা চলে আসছে, তা থেকে বোঝা যায়—তীক্ষ্ণদৃষ্টিসম্পন্না রানী তাঁর প্রাণস্বরূপ দেবীসেবার বন্দোবস্ত যথাযথ থাকবে না ভেবে কেন এত আশঙ্কা করেছিলেন এবং কেনই বা ব্যাধির যন্ত্রণার চেয়ে সেই চিন্তার যন্ত্রণাকে মৃত্যুকালে তিনি তীব্রতর বলে অনুভব করেছিলেন। আদালতের কাগজপত্রে দেখা যায়, সেইসব মোকদ্দমার বিপুল খরচের জন্য ওই দেবোত্তর সম্পত্তি ঋণগ্রস্ত হয়ে ক্রমশ এক লক্ষ টাকার কিছু কমে বাঁধা পড়েছে।[3] কে বলবে, রানী রাসমণির অদ্বিতীয় দৈবকীর্তি এই বিবাদের ফলে নামমাত্রে পর্যবসিত হয়ে ক্রমে লুপ্ত হবে কি না!
মথুরবাবুর সাংসারিক উন্নতি ও দেবসেবার বন্দোবস্ত
রানীর কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত মথুরামোহন বিশ্বাস বিষয়সংক্রান্ত সব কাজের পরিচালনায় তাঁর ডান হাত হয়ে উঠেছিলেন। প্রতিষ্ঠার সময় থেকে তিনি কালীবাড়ির দেবোত্তর সম্পত্তির আয়ব্যয় বুঝে নিয়ে রানীর ইচ্ছামতো সব বিষয়ের বন্দোবস্ত করে আসছিলেন। সুতরাং রানীর মৃত্যুর পরে তিনিই দেবসেবা-সংক্রান্ত সব কাজ আগের মতো পরিচালনা করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র প্রভাবে দেবতাভক্তি মথুরামোহনের অন্তরে বিশেষ অধিকার বিস্তার করেছিল বলে দক্ষিণেশ্বরের মাতৃসেবা রানীর মৃত্যুতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
মথুরবাবুর উন্নতি ও আধিপত্য ঠাকুরকে সহায়তা করার জন্য
ঠাকুরের সঙ্গে মথুরবাবুর বিচিত্র সম্বন্ধের কথা আমরা ইতিপূর্বে অনেক জায়গায় বলেছি; অতএব এখানে তার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। এখানে শুধু এই কথা বললেই চলবে যে, ঠাকুরের জীবনে দীর্ঘদিনের তন্ত্রোক্ত সাধনগুলি অনুষ্ঠিত হওয়ার আগে রানী রাসমণির স্বর্গারোহণ ঘটেছিল এবং কালীবাড়ি-সংক্রান্ত সব বিষয়ে মথুরামোহন একাধিপত্য লাভ করেছিলেন; তার ফলে ভক্তিমান মথুর তাঁকে সেই সাধনে সহায়তা করার বিশেষ সুযোগ পেয়েছিলেন। মনে হয়, মথুরের এই আধিপত্যলাভ যেন ঠাকুরকে সহায়তা করার জন্যই ঘটেছিল। কারণ দেখা যায়, দেবতাজ্ঞানে ঠাকুরের সেবা করাই তখন থেকে তাঁর কাছে সর্বপ্রধান কাজ হয়ে উঠেছিল। দীর্ঘকাল সমভাবে এক বিষয়ে বিশ্বাসী থেকে উচ্চভাব আশ্রয় করে জীবন অতিবাহিত করা একমাত্র ঈশ্বরকৃপাতেই সম্ভবপর হয়। অতএব রানীর বিপুল বিষয়ে একাধিপত্য লাভ করে বিপথগামী না হয়ে মথুরামোহন যে দিন দিন ঠাকুরের প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠেছিলেন এবং তখন থেকে দীর্ঘ এগারো বছর ধরে তাঁর সেবায় নিজেকে সমভাবে নিযুক্ত রাখতে পেরেছিলেন, এ থেকে বোঝা যায়, তিনি পরম ভাগ্যবান ছিলেন।
ঠাকুরের সম্বন্ধে সাধারণ মানুষের ও মথুরের ধারণা
ঈশ্বরসাধক ছাড়া অন্য কেউ ঠাকুরের দিব্যোন্মাদ অবস্থার অসাধারণ উচ্চতা সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা করতে পারেনি। সাধারণ মানুষ তাঁকে বিকৃতমস্তিষ্ক বলে স্থির করেছিল। কারণ, তারা দেখেছিল, তিনি সবরকম পার্থিব ভোগসুখলাভে পরাঙ্মুখ হয়ে তাদের বুদ্ধির অগোচর একটা অনির্দিষ্ট ভাবে বিভোর থেকে কখনো ‘হরি’, কখনো ‘রাম’, এবং কখনো বা ‘কালী’, ‘কালী’ বলে দিন কাটিয়ে দেন! আবার রানী রাসমণি ও মথুরবাবুর কৃপা পেয়ে কত লোক ধনী হয়ে গেল, তিনি কিন্তু ভাগ্যক্রমে তাঁদের সুনয়নে পড়েও নিজের সাংসারিক উন্নতির কিছুই করে নিতে পারলেন না। সুতরাং তিনি হিতাহিত-জ্ঞানশূন্য উন্মাদ ছাড়া আর কী হবেন? এ কথা কিন্তু সকলে বুঝেছিল যে, সাংসারিক সব বিষয়ে অকর্মণ্য হলেও এই উন্মাদের উজ্জ্বল নয়নে, অদৃষ্টপূর্ব চালচলনে, মধুর কণ্ঠস্বরে, সুললিত বাক্যবিন্যাসে এবং অদ্ভুত প্রত্যুৎপন্নমতিত্বে এমন একটা কী আকর্ষণ আছে, যাতে তারা যেসব ধনী মানী পণ্ডিত ব্যক্তির সামনে এগোতেও সংকোচ বোধ করে, সেইসব লোকের সামনে ইনি একটুও সংকুচিত না হয়ে উপস্থিত হন এবং অচিরে তাঁদের প্রিয় হয়ে ওঠেন! সাধারণ মানুষ এবং কালীবাড়ির কর্মচারীরা এরকম ভাবলেও মথুরবাবু কিন্তু এখন অন্যরকম ভাবতেন। মথুরামোহন বলতেন, “শ্রীশ্রীজগদম্বার কৃপা হয়েছে বলেই ওঁর ওরকম উন্মত্তের মতো অবস্থা হয়েছে।”
ভৈরবী ব্রাহ্মণীর আগমন
রানী রাসমণির মৃত্যুর অল্পদিন পরে ঠাকুরের জীবনে সেই বছর আর একটি বিশেষ ঘটনা ঘটল। দক্ষিণেশ্বর কালীবাড়ির পশ্চিমে গঙ্গাতীরে সুবৃহৎ পোস্তার উপর তখন একটি বিচিত্র পুষ্পকানন ছিল। সযত্ন-রক্ষিত সেই উদ্যানে নানাজাতীয় পুষ্পসম্ভারে ভূষিত হয়ে বৃক্ষলতাদি তখন বিচিত্র শোভা বিস্তার করত এবং মধুগন্ধে দিক আমোদিত হত। শ্রীশ্রীজগদম্বার পূজা না করলেও ঠাকুর এই সময়ে রোজ সেই কাননে ফুল তুলতেন এবং মালা গেঁথে শ্রীশ্রীজগদম্বাকে স্বহস্তে সাজাতেন। ওই কাননের মাঝখানে গঙ্গাগর্ভ থেকে মন্দিরে যাওয়ার চাঁদনি-শোভিত বিস্তৃত সোপানাবলি এবং উত্তরে পোস্তার শেষে স্ত্রীলোকদের ব্যবহারের জন্য একটি বাঁধাঘাট ও নহবতখানা আজও রয়েছে। বাঁধাঘাটটির উপরে একটি বড় বকুলগাছ থাকায় লোকে সেটিকে বকুলতলার ঘাট বলত।
ঠাকুর একদিন সকালে ফুল তুলছেন, এমন সময়ে একখানি নৌকা বকুলতলার ঘাটে এসে লাগল এবং গৈরিকবস্ত্রপরিহিতা আলুলায়িত-দীর্ঘকেশা ভৈরবীবেশধারিণী এক সুন্দরী রমণী তা থেকে নেমে দক্ষিণেশ্বর ঘাটের চাঁদনির দিকে এগিয়ে গেলেন। প্রৌঢ়া হলেও যৌবনের সৌন্দর্যাভাস তাঁর শরীরকে তখনো ত্যাগ করেনি। ঠাকুরের কাছে শুনেছি, ভৈরবীর বয়স তখন চল্লিশের কাছাকাছি ছিল। নিকট আত্মীয়কে দেখলে লোকে যেমন বিশেষ আকর্ষণ অনুভব করে, ভৈরবীকে দেখে ঠাকুর তেমনই অনুভব করলেন এবং ঘরে ফিরে ভাগনে হৃদয়কে চাঁদনি থেকে তাঁকে ডেকে আনতে বললেন। হৃদয় তাঁর এই আদেশে ইতস্তত করে বলল, “অপরিচিত রমণী, ডাকলেই আসবে কেন?” ঠাকুর তার উত্তরে বললেন, “আমার নাম করে বললেই আসবে।” হৃদয় বলত, অপরিচিতা সন্ন্যাসিনীর সঙ্গে আলাপ করার জন্য মামার এমন আগ্রহাতিশয় দেখে সে অবাক হয়েছিল। কারণ তাঁকে এরকম আচরণ করতে সে আগে কখনো দেখেনি।
উন্মাদ মামার কথা অন্যথা করার উপায় নেই বুঝে হৃদয় চাঁদনিতে গিয়ে দেখল, ভৈরবী সেখানেই বসে আছেন। সে তাঁকে ডেকে বলল, তার ঈশ্বরভক্ত মামা তাঁর দর্শনলাভের জন্য প্রার্থনা করছেন। এ কথা শুনে ভৈরবী কোনো প্রশ্ন না করে তার সঙ্গে যাওয়ার জন্য উঠলেন; তা দেখে সে আরও বিস্মিত হল।
প্রথম দর্শনে ভৈরবী ঠাকুরকে যা বলেন
ঠাকুরের ঘরে ঢুকে তাঁকে দেখেই ভৈরবী আনন্দে ও বিস্ময়ে অভিভূত হলেন এবং সজলনয়নে সহসা বলে উঠলেন, “বাবা, তুমি এখানে রয়েছ! তুমি গঙ্গাতীরে আছ জেনে তোমায় খুঁজে বেড়াচ্ছিলাম, এতদিনে দেখা পেলাম!” ঠাকুর জিজ্ঞাসা করলেন, “আমার কথা কেমন করে জানতে পারলে, মা?” ভৈরবী বললেন, “তোমাদের তিনজনের সঙ্গে দেখা করতে হবে, এ কথা ৺জগদম্বার কৃপায় আগে জানতে পেরেছিলাম। দুজনের দেখা পূর্ব (বঙ্গ) দেশে পেয়েছি, আজ এখানে তোমার দেখা পেলাম।”
ঠাকুর ও ভৈরবীর প্রথমালাপ
ঠাকুর তখন ভৈরবীর কাছে বসে, বালক যেমন অন্তরের কথা জননীর কাছে সানন্দে প্রকাশ করে, তেমনই নিজের অলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্যজ্ঞান লুপ্ত হওয়া, গাত্রদাহ, নিদ্রাশূন্যতা, শারীরিক বিকার প্রভৃতি জীবনে নিত্য অনুভূত বিষয়গুলি তাঁকে বলতে বলতে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, “হ্যাঁগা, আমার এসব কী হয়? আমি কি সত্যিই পাগল হলাম? জগদম্বাকে মনে প্রাণে ডেকে সত্যিই কি আমার কঠিন ব্যাধি হল?” ভৈরবী তাঁর সেই সব কথা শুনতে শুনতে জননীর মতো কখনো উত্তেজিত, কখনো উল্লসিত, এবং কখনো করুণার্দ্রহৃদয় হয়ে তাঁকে সান্ত্বনা দিতে বারংবার বলতে লাগলেন, “তোমায় কে পাগল বলে, বাবা? তোমার এ পাগলামি নয়, তোমার মহাভাব হয়েছে, সেইজন্যই ওরকম সব অবস্থা হয়েছে ও হচ্ছে। তোমার যে অবস্থা হয়েছে, তা কি কারও চেনার সাধ্য আছে? সেইজন্য ওরকম বলে। এমন অবস্থা হয়েছিল শ্রীমতী রাধারানীর; এমন হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর! এই কথা ভক্তিশাস্ত্রে আছে। আমার কাছে যেসব পুঁথি আছে, তা থেকে আমি পড়ে দেখাব, ঈশ্বরকে যাঁরা একমনে ডেকেছেন, তাঁদের সকলেরই এমন সব অবস্থা হয়েছে ও হয়।” ভৈরবী ব্রাহ্মণী ও নিজের মামাকে এভাবে পরমাত্মীয়ের মতো কথাবার্তা বলতে দেখে হৃদয়ের বিস্ময়ের অবধি ছিল না।
তারপর কথায় কথায় বেলা অনেক হয়েছে দেখে ঠাকুর দেবীর প্রসাদী ফলমূল, মাখন, মিছরি প্রভৃতি ভৈরবী ব্রাহ্মণীকে জলযোগ করতে দিলেন, এবং মাতৃভাবে ভাবিতা ব্রাহ্মণী যে তাঁকে পুত্ররূপে আগে না খাইয়ে জলগ্রহণ করবেন না, তা বুঝে ঠাকুর নিজেই সেসব খাবারের কিছু অংশ খেলেন। দেবদর্শন ও জলযোগ শেষ হলে ব্রাহ্মণী নিজের কণ্ঠে ধারণ করা রঘুবীরশিলার ভোগের জন্য ঠাকুরবাড়ির ভাণ্ডার থেকে আটা, চাল প্রভৃতি ভিক্ষা হিসেবে নিয়ে পঞ্চবটীতলে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়লেন।
পঞ্চবটীতে ভৈরবীর অপূর্ব দর্শন
রান্না শেষ হলে ৺রঘুবীরের সামনে খাদ্যাদি রেখে ব্রাহ্মণী নিবেদন করে দিলেন এবং ইষ্টদেবকে চিন্তা করতে করতে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে অভূতপূর্ব দর্শন লাভ করে সমাধিস্থ হলেন। তাঁর বাহ্যজ্ঞান লুপ্ত হল এবং দুনয়নে প্রেমাশ্রুধারা প্রবাহিত হতে লাগল। ঠাকুর সেই সময়ে প্রাণে প্রাণে আকৃষ্ট হয়ে অর্ধবাহ্য অবস্থায় সহসা সেখানে উপস্থিত হলেন এবং দৈবশক্তিবলে পূর্ণাবিষ্ট হয়ে ব্রাহ্মণী-নিবেদিত খাদ্যগুলি ভোজন করতে লাগলেন। খানিক পরে ব্রাহ্মণী সংজ্ঞা ফিরে পেয়ে চোখ মেললেন এবং বাহ্যজ্ঞানবিরহিত ভাবাবিষ্ট ঠাকুরের এমন কার্যকলাপ নিজের দর্শনের সঙ্গে মিলে যেতে দেখে আনন্দে তাঁর শরীর কণ্টকিত হয়ে উঠল। কিছুক্ষণ পরে ঠাকুর সাধারণ জ্ঞানভূমিতে অবরোহণ করলেন এবং নিজের করা কাজের জন্য ক্ষুব্ধ হয়ে ব্রাহ্মণীকে বলতে লাগলেন, “কে জানে বাপু, আত্মহারা হয়ে কেন এরকম সব কাজ করে বসি!” ব্রাহ্মণী তখন জননীর মতো তাঁকে আশ্বাস দিয়ে বললেন, “বেশ করেছ, বাবা; ও কাজ তুমি করোনি, তোমার ভিতরে যিনি আছেন তিনি করেছেন; ধ্যান করতে করতে আমি যা দেখেছি, তাতে নিশ্চয়ই বুঝেছি, কে অমন করেছে এবং কেনই বা করেছে; বুঝেছি, আর আমার আগের বাহ্যপূজার আবশ্যকতা নেই, আমার পূজা এতদিনে সার্থক হয়েছে!” এই বলে ব্রাহ্মণী কিছুমাত্র দ্বিধা না করে দেবপ্রসাদরূপে সেই ভোজনাবশিষ্ট গ্রহণ করলেন এবং ঠাকুরের শরীর-মনের আশ্রয়ে ৺রঘুবীরের জীবন্ত দর্শন পেয়ে প্রেমগদ্গদচিত্তে বাষ্পবারি মোচন করতে করতে বহুকালপূজিত নিজের রঘুবীরশিলাটিকে গঙ্গাগর্ভে বিসর্জন দিলেন।
পঞ্চবটীতে শাস্ত্রপ্রসঙ্গ
প্রথম দর্শনের প্রীতি ও আকর্ষণ ঠাকুর ও ব্রাহ্মণীর মধ্যে দিন দিন বাড়তে লাগল। ঠাকুরের প্রতি অপত্যপ্রেমে মুগ্ধহৃদয়া সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরেই রয়ে গেলেন। আধ্যাত্মিক কথাবার্তায় দিনের পর দিন কোথা দিয়ে কেটে যেতে লাগল, দুজনের মধ্যে কারও তা অনুভবে এল না! নিজের আধ্যাত্মিক দর্শন ও অবস্থা সম্বন্ধে রহস্যকথা সব অকপটে বলে ঠাকুর প্রতিদিন নানাবিধ প্রশ্ন করতে লাগলেন, এবং ভৈরবী তন্ত্রশাস্ত্র থেকে সেগুলির সমাধান করে, অথবা ঈশ্বরপ্রেমের প্রবল বেগে অবতারপুরুষদের দেহমনে কেমন লক্ষণ প্রকাশ পায়, ভক্তিগ্রন্থ থেকে তা পাঠ করে ঠাকুরের সব সংশয় ছিন্ন করতে লাগলেন। পঞ্চবটীতে এভাবে কয়েক দিন ধরে দিব্যানন্দের প্রবাহ ছুটেছিল।
ভৈরবীর দেবমণ্ডলের ঘাটে অবস্থানের কারণ
ছয়-সাত দিন এমনভাবে কাটার পরে ঠাকুরের মনে হল, ব্রাহ্মণীকে এখানে রাখা ভালো হচ্ছে না। কামকাঞ্চনাসক্ত সংসারী মানুষ বুঝতে না পেরে পবিত্রা রমণীর চরিত্র সম্বন্ধে নানা কথা রটানোর সুযোগ পাবে। ব্রাহ্মণীকে সে কথা বলামাত্র তিনি বিষয়টির যাথার্থ্য অনুধাবন করলেন এবং গ্রামের মধ্যে কাছাকাছি কোনো এক জায়গায় থেকে রোজ দিনের বেলা কিছুক্ষণের জন্য এসে ঠাকুরের সঙ্গে দেখা করে যাবেন, এই সংকল্প স্থির করে কালীবাড়ি ছেড়ে চলে গেলেন।
কালীবাড়ির উত্তরে ভাগীরথীর তীরে দক্ষিণেশ্বর-গ্রামের দেবমণ্ডলের ঘাটে এসে ব্রাহ্মণী বাস করতে লাগলেন[4] এবং গ্রামের মধ্যে ঘুরে বেড়িয়ে রমণীদের সঙ্গে আলাপ করে অল্পদিনেই তাদের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠলেন। সুতরাং সেখানে তাঁর বাস ও ভিক্ষা নিয়ে কোনো অসুবিধা রইল না এবং লোকনিন্দার ভয়ে ঠাকুরের পবিত্র দর্শনলাভে তাঁকে একদিনের জন্যও বঞ্চিত হতে হল না। তিনি প্রতিদিন কিছুক্ষণের জন্য কালীবাড়িতে এসে ঠাকুরের সঙ্গে কথাবার্তায় সময় কাটাতে লাগলেন এবং গ্রামের রমণীদের কাছ থেকে নানারকম খাবারদাবার সংগ্রহ করে মধ্যে মধ্যে তাঁকে খাওয়াতেন।[5]
ভৈরবীর ঠাকুরকে অবতার বলে ধারণা কীভাবে হয়
ঠাকুরের কথা শুনে ব্রাহ্মণীর আগেই মনে হয়েছিল, অসাধারণ ঈশ্বরপ্রেমেই তাঁর অলৌকিক দর্শন ও অবস্থাগুলি হয়েছে। এখন ভগবদালাপের সময় ভাবসমাধিতে ঠাকুরের মুহুর্মুহু বাহ্যচৈতন্যলোপ ও কীর্তনে পরমানন্দ দেখে তাঁর দৃঢ় ধারণা হল—ইনি কখনোই সামান্য সাধক নন। চৈতন্যচরিতামৃত ও ভাগবতাদি গ্রন্থের জায়গায় জায়গায় মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জীবোদ্ধারের জন্য পুনরায় শরীর ধারণ করে আসার যেসব ইঙ্গিত দেখা যায়, ঠাকুরকে দেখে ব্রাহ্মণীর স্মৃতিপথে সেই সব কথা বারবার জেগে উঠতে লাগল। বিদুষী ব্রাহ্মণী ওইসব গ্রন্থে শ্রীচৈতন্য ও শ্রীনিত্যানন্দ সম্বন্ধে যেসব কথা লিপিবদ্ধ দেখেছিলেন, সেগুলির সঙ্গে ঠাকুরের আচার-ব্যবহার ও অলৌকিক প্রত্যক্ষাদি মিলিয়ে সৌসাদৃশ্য দেখতে পেলেন। শ্রীচৈতন্যদেবের মতো ভাবাবেশে স্পর্শ করে অপরের মনে ধর্মভাব উদ্দীপিত করার শক্তি ঠাকুরের মধ্যে প্রকাশ পাচ্ছে দেখলেন। আবার ঈশ্বর-বিরহ-বিধুর শ্রীচৈতন্যদেবের গাত্রদাহ দেখা দিলে স্রক্চন্দনাদি যেসব পদার্থের ব্যবহারে তা প্রশমিত হত বলে প্রসিদ্ধি আছে, ঠাকুরের গাত্রদাহ প্রশমনের জন্য সেগুলি প্রয়োগ করে তিনি তেমনই ফল পেলেন।[6] সুতরাং তাঁর মনে তখন থেকে দৃঢ় ধারণা হল, শ্রীচৈতন্য ও শ্রীনিত্যানন্দ উভয়ে জীবোদ্ধারের জন্য ঠাকুরের শরীর-মন আশ্রয় করে পুনরায় পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। সিহড় গ্রামে যাওয়ার সময় ঠাকুর নিজের দেহের ভিতর থেকে কিশোরবয়স্ক দুজনকে যেভাবে বাইরে আবির্ভূত হতে দেখেছিলেন, তা আমরা পাঠককে ইতিপূর্বে বলেছি।[7] ব্রাহ্মণী এখন সেই দর্শনের কথা ঠাকুরের মুখে শুনে শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে নিজের মীমাংসায় আরও দৃঢ়বিশ্বাসী হয়ে বললেন, “এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব!”
উদাসিনী ব্রাহ্মণী সংসারে কারও কাছে কিছু প্রত্যাশা করতেন না, প্রাণ যা সত্য বলে বুঝেছে তা প্রকাশ করলে লোকের নিন্দা বা উপহাসের পাত্রী হতে হবে, এ আশঙ্কা রাখতেন না। সুতরাং শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে নিজের মীমাংসা তিনি সকলের সামনে বলতে কিছুমাত্র কুণ্ঠিত হননি। শুনেছি, এই সময়ে একদিন ঠাকুর পঞ্চবটীতলে মথুরবাবুর সঙ্গে বসে ছিলেন। হৃদয়ও তাঁদের কাছে ছিল। ব্রাহ্মণী তাঁর সম্বন্ধে যে মীমাংসায় উপনীত হয়েছেন, কথাপ্রসঙ্গে ঠাকুর তা মথুরামোহনকে বলতে লাগলেন। বললেন, “সে বলে যে, অবতারদের যে-সকল লক্ষণ থাকে, তা এই শরীর-মনে আছে। তার অনেক শাস্ত্র দেখা আছে, কাছে অনেক পুঁথিও আছে।” মথুর শুনে হাসতে হাসতে বললেন, “তিনি যাই বলুন না, বাবা, অবতার তো আর দশটির বেশি নেই? সুতরাং তাঁর কথা সত্য হবে কেমন করে? তবে আপনার উপর মা কালীর কৃপা হয়েছে, এ কথা সত্য।”
মথুরের সামনে ভৈরবীর ঠাকুরকে অবতার বলা
তাঁরা এভাবে কথাবার্তা বলছেন, এমন সময়ে দেখতে পেলেন, এক সন্ন্যাসিনী তাঁদের অভিমুখে আসছেন; মথুর ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, “উনিই কি তিনি?” ঠাকুর সায় দিলেন। তাঁরা দেখলেন—ব্রাহ্মণী কোথা থেকে এক থালা মিষ্টান্ন সংগ্রহ করে, শ্রীবৃন্দাবনে নন্দরানী যশোদা যেভাবে গোপালকে খাওয়াতে সপ্রেমে এগিয়ে যেতেন, সেইভাবে তন্ময় হয়ে অন্যমনে তাঁদের দিকে চলে আসছেন। কাছে এসে মথুরবাবুকে দেখতে পেয়ে তিনি সযত্নে নিজেকে সংযত করলেন এবং ঠাকুরকে খাওয়াবার জন্য হৃদয়ের হাতে মিষ্টান্নের থালাটি দিলেন। তখন মথুরবাবুকে দেখিয়ে ঠাকুর তাঁকে বললেন, “ওগো! তুমি আমাকে যা বলো সেই সব কথা আজ এঁকে বলছিলাম, ইনি বললেন, ‘অবতার তো দশটি ছাড়া আর নেই’।” মথুরানাথও ইতিমধ্যে সন্ন্যাসিনীকে অভিবাদন করলেন এবং তিনি যে সত্যিই সেই আপত্তি করছিলেন, তা স্বীকার করলেন। ব্রাহ্মণী তাঁকে আশীর্বাদ করে উত্তর দিলেন, “কেন? শ্রীমদ্ভাগবতে চব্বিশটি অবতারের কথা বলার পরে ভগবান ব্যাস শ্রীহরির অসংখ্য বার অবতীর্ণ হওয়ার কথা বলেছেন তো? বৈষ্ণবদের গ্রন্থেও মহাপ্রভুর পুনরাগমনের কথা স্পষ্ট উল্লিখিত আছে। তা ছাড়া শ্রীচৈতন্যের সঙ্গে (শ্রীরামকৃষ্ণদেবকে দেখিয়ে) এঁর শরীর-মনে প্রকাশিত লক্ষণগুলি মিলিয়ে দেখলে বিশেষ সৌসাদৃশ্য পাওয়া যায়।” ব্রাহ্মণী এভাবে নিজের পক্ষ সমর্থন করে বললেন, শ্রীমদ্ভাগবত ও গৌড়ীয় বৈষ্ণবাচার্যদের গ্রন্থে যাঁরা সুপণ্ডিত, তাঁর কথা সত্য বলে তাঁদের স্বীকার করতেই হবে। তেমন ব্যক্তির কাছে তিনি নিজের পক্ষ সমর্থন করতে সম্মত আছেন। ব্রাহ্মণীর এ কথার কোনো উত্তর দিতে না পেরে মথুরামোহন নীরব রইলেন।
পণ্ডিত বৈষ্ণবচরণের দক্ষিণেশ্বরে আগমনের কারণ
ঠাকুরের সম্বন্ধে ব্রাহ্মণীর অপূর্ব ধারণা ক্রমে কালীবাড়ির সকলেই জানতে পারল এবং তা নিয়ে একটা বিষম আন্দোলন উঠল। তার ফলাফল আমরা অন্যত্র বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছি।[8] ভৈরবী ব্রাহ্মণী এভাবে সকলের সমক্ষে ঠাকুরকে সহসা দেবতার সম্মান দিলেও ঠাকুরের মনে কিছুমাত্র বিকার দেখা দেয়নি। কিন্তু সেই সিদ্ধান্ত স্মরণে রেখে শাস্ত্রজ্ঞ পুরুষেরা কী মতামত দেন, তা জানতে উৎসুক হয়ে তিনি বালকের মতো মথুরামোহনকে তার বন্দোবস্ত করতে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের ফলেই বৈষ্ণবচরণ-প্রমুখ পণ্ডিতেরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিলেন। তাঁদের কাছে ব্রাহ্মণী কীভাবে নিজের পক্ষ সমর্থন করেছিলেন, তা অন্যত্র বলেছি।[9]
[1] Plaint in High Court Suit No. 308 of 1872 Puddomoni Dasee vs. Jagadamba Dasee, recites the following from the Deed of Endowment executed by Rani Rasmani – “According to my late husband’s desire *** I on 18th Jaistha, 1262 B.S. (31st May, 1855) established and consecrated the Thakurs ..and for purpose of carrying on the Sheba purchased three lots of Zemindaris in District Dinajpur on 14th Bhadra, 1262 B.S. (29 August, 1855) for Rs. 2,26,000.”
[2] The Deed of Endowment, dated 18 February, 1861 was executed by Rani Rasmani; she acknowledged her execution of the same before J. F. Watkins, Solicitor, Calcutta. This dedication was accepted as valid by all parties in Alipore Suit No. 47 of 1867, Jadu Nath Chowdhury vs. Puddomoni and in the High Court Suit No. 308 of 1872, Puddomoni vs. Jagadamba and also when that Suit (No. 308) was revived after contest on 19 July, 1888.
[3] Debt due on mortgage by the Estate is Rs. 50,000; interest payable quarterly is Rs. 876-0-0; Costs of the Referee already stated amount to Rs. 20,000, as yet untaxed.
[4] হৃদয় বলত, দেবমণ্ডলের ঘাটে থাকার পরামর্শ ঠাকুরই ব্রাহ্মণীকে দিয়ে মণ্ডলদের বাড়িতে পাঠিয়ে দেন। ব্রাহ্মণী সেখানে যাওয়ামাত্র ৺নবীনচন্দ্র নিয়োগীর ধর্মপরায়ণা পত্নী তাঁকে সাদরে গ্রহণ করেন এবং ঘাটের চাঁদনিতে যতদিন ইচ্ছা থাকার অনুমতির সঙ্গে একখানি তক্তপোশ, চাল, ডাল, ঘি ও অন্যান্য খাবারদাবার দিয়েছিলেন।
[5] গুরুভাব – পূর্বার্ধ, ৮ম অধ্যায়।
[6] গুরুভাব – উত্তরার্ধ, ১ম অধ্যায়।
[7] গুরুভাব – উত্তরার্ধ, ১ম অধ্যায়।
[8] গুরুভাব – পূর্বার্ধ, ৫ম ও ৬ষ্ঠ অধ্যায় এবং উত্তরার্ধ, ১ম অধ্যায়।
[9] গুরুভাব – উত্তরার্ধ, ১ম অধ্যায়।
সাধনপ্রসূত দিব্যদৃষ্টি ব্রাহ্মণীকে ঠাকুরের অবস্থা যথাযথভাবে বুঝিয়েছিল
ঠাকুরের সম্বন্ধে ব্রাহ্মণীর যে সিদ্ধান্তের কথা আগে বলা হয়েছে, তা তিনি কেবলমাত্র তর্কযুক্তি দিয়ে স্থির করেননি। পাঠকের মনে থাকবে, ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতের সময় তিনি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব-প্রমুখ তিন ব্যক্তির সঙ্গে দেখা করে তাঁদের আধ্যাত্মিক-জীবন-বিকাশে তাঁকে সহায়তা করতে হবে। ঠাকুরকে দর্শন করার বহু আগে তিনি সেই প্রত্যাদেশ লাভ করেছিলেন। সুতরাং বোঝা যায়, সাধনপ্রসূত দিব্যদৃষ্টিই তাঁকে দক্ষিণেশ্বরে এনে স্বল্প পরিচয়েই ঠাকুরকে এভাবে বুঝতে সহায়তা করেছিল। আবার দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সঙ্গে ব্রাহ্মণী যত ঘনিষ্ঠভাবে মিশতে লাগলেন, ঠাকুরকে কীভাবে কতটা সহায়তা করতে হবে, সে কথা ততই তাঁর মনে পূর্ণ প্রস্ফুটিত হয়ে উঠল। অতএব ঠাকুরের সম্বন্ধে সাধারণের ভ্রান্ত ধারণা দূর করার চেষ্টাতেই তিনি এখন কালক্ষেপ করলেন না; শাস্ত্রের পথ ধরে সাধনগুলির অনুষ্ঠান করে শ্রীশ্রীজগদম্বার পূর্ণ প্রসন্নতার অধিকারী হয়ে ঠাকুর যাতে দিব্য ভাবে সুপ্রতিষ্ঠিত হন, সে বিষয়েও যত্নশীল হলেন।
ঠাকুরকে ব্রাহ্মণীর তন্ত্রসাধন করতে বলার কারণ
গুরু-পরম্পরাগত শাস্ত্রনির্দিষ্ট সাধনপথ অবলম্বন না করে কেবলমাত্র অনুরাগের সাহায্যে ঈশ্বরদর্শনে অগ্রসর হয়েছেন বলেই ঠাকুর নিজের উচ্চ অবস্থা সম্বন্ধে ধারণা করতে পারছেন না, প্রবীণা সাধিকা ব্রাহ্মণীর এ কথা বুঝতে বিলম্ব হয়নি। নিজের অপূর্ব প্রত্যক্ষগুলি মস্তিষ্কবিকৃতির ফল এবং শারীরিক বিকারগুলি ব্যাধির জন্য দেখা দিচ্ছে—এই যে সন্দেহ ঠাকুরকে মধ্যে মধ্যে মুহ্যমান করছিল, তার হাত থেকে মুক্ত করার জন্য ব্রাহ্মণী এখন তাঁকে তন্ত্রোক্ত সাধনমার্গ অবলম্বন করতে উৎসাহিত করলেন। কারণ সাধক যে ক্রিয়ার অনুষ্ঠানে যে ফল পাবেন, তন্ত্রে তা লিপিবদ্ধ দেখতে পেয়ে এবং অনুষ্ঠানের সাহায্যে নিজে সেই সব ফল লাভ করে ঠাকুরের মনে এ কথার দৃঢ় প্রতীতি হবে যে, সাধনার সাহায্যে মানব অন্তঃরাজ্যের উচ্চ থেকে উচ্চতর ভূমিসমূহে যত আরোহণ করতে থাকে, ততই তার অনন্যসাধারণ শারীরিক ও মানসিক অবস্থাসমূহের উপলব্ধি হয়। ফলে এই দাঁড়াবে যে, ঠাকুরের জীবনে ভবিষ্যতে যেমন অসাধারণ প্রত্যক্ষই আসুক না কেন, কিছুমাত্র বিচলিত না হয়ে তিনি সেগুলিকে সত্য ও অবশ্যম্ভাবী জেনে নিশ্চিন্ত মনে গন্তব্যপথে অগ্রসর হতে পারবেন। ব্রাহ্মণী জানতেন, শাস্ত্র সেজন্য সাধককে গুরুবাক্য ও শাস্ত্রবাক্যের সঙ্গে নিজের জীবনের অনুভবগুলিকে মিলিয়ে দেখতে বলেছেন, অনুরূপ হল কি না।
অবতার বলে বুঝেও ব্রাহ্মণী কীভাবে ঠাকুরকে সাধনায় সহায়তা করেছিলেন
প্রশ্ন উঠতে পারে, ঠাকুরকে অবতারপুরুষ বলে বুঝে ব্রাহ্মণী কোন যুক্তিবলে আবার তাঁকে সাধন করাতে উদ্যত হলেন? ঐশমহিমাসম্পন্ন অবতারপুরুষকে সর্বতোভাবে পূর্ণ বলে স্বীকার করতে হয়, সুতরাং তাঁর পক্ষে সাধনাদি চেষ্টা যে অনাবশ্যক, তা সর্বদা প্রতীয়মান হয়ে থাকে। উত্তরে বলা যেতে পারে, ঠাকুরের সম্বন্ধে সেই প্রকার মহিমা বা ঐশ্বর্যজ্ঞান ব্রাহ্মণীর মনে সর্বদা জেগে থাকলে তাঁর মানসিক ভাব বোধ হয় তেমনই হত, কিন্তু তা হয়নি। আমরা বলেছি, প্রথম দর্শন থেকে ব্রাহ্মণী অপত্যনির্বিশেষে ঠাকুরকে ভালোবেসেছিলেন এবং ঐশ্বর্যজ্ঞান ভুলিয়ে প্রিয়তমের কল্যাণচেষ্টায় নিযুক্ত করাতে ভালোবাসার মতো দ্বিতীয় পদার্থ সংসারে নেই। অতএব বোঝা যায়, অকৃত্রিম ভালোবাসার প্রেরণাতেই তিনি ঠাকুরকে সাধনায় প্রবৃত্ত করিয়েছিলেন। দেব-মানব, অবতারপুরুষদের জীবনালোচনায় আমরা সর্বত্র তেমনই দেখতে পাই। দেখতে পাই, তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্বদ্ধ ব্যক্তিরা তাঁদের অলৌকিক ঐশ্বর্যজ্ঞানে সময়ে সময়ে স্তম্ভিত হলেও পরক্ষণে তা ভুলে যাচ্ছেন এবং প্রেমে মুগ্ধ হয়ে তাঁদের অন্য সাধারণের মতো অপূর্ণ জ্ঞান করে তাঁদের কল্যাণচেষ্টায় নিযুক্ত হচ্ছেন! অতএব অলৌকিক ভাবাবেশ ও শক্তিপ্রকাশ দর্শনে ব্রাহ্মণী সময়ে সময়ে স্তম্ভিত হলেও, তাঁর প্রতি ঠাকুরের অকৃত্রিম ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা তাঁর হৃদয়নিহিত কোমলকঠোর মাতৃস্নেহকে উদ্বেলিত করে তাঁকে সতত ভুলিয়ে রাখত এবং ঠাকুরকে সুখী করার জন্য সব বিষয়ে সহায়তা করতে এগিয়ে দিত।
ঠাকুরকে নিজের সর্ব তপস্যার ফলপ্রদানের জন্য ব্রাহ্মণীর ব্যস্ততা
যোগ্য ব্যক্তিকে শিক্ষাদানের সুযোগ এলে, গুরুর হৃদয়ে পরম পরিতৃপ্তি ও আত্মপ্রসাদ আপনা থেকেই উদিত হয়। সুতরাং ঠাকুরের মতো উত্তমাধিকারীকে শিক্ষাদানের অবসর পেয়ে ব্রাহ্মণীর হৃদয় আনন্দে পূর্ণ হয়েছিল। তার উপর ঠাকুরের প্রতি তাঁর অকৃত্রিম বাৎসল্যভাব—অতএব এক্ষেত্রে ব্রাহ্মণী তাঁর আজীবন স্বাধ্যায় ও তপস্যার ফল অল্প সময়ের মধ্যে তাঁকে অনুভব করানোর জন্য সচেষ্ট হবেন, তা বিচিত্র নয়।
৺জগদম্বার অনুজ্ঞালাভে ঠাকুরের তন্ত্রসাধনের অনুষ্ঠান—তাঁর সাধনাগ্রহের পরিমাণ
তন্ত্রোক্ত সাধনগুলি অনুষ্ঠানের আগে ঠাকুর সে বিষয়ের ইতিকর্তব্যতা সম্বন্ধে শ্রীশ্রীজগদম্বাকে জিজ্ঞাসা করেছিলেন এবং তাঁর অনুমতি লাভ করে তাতে প্রবৃত্ত হয়েছিলেন—এ কথা আমরা তাঁর শ্রীমুখে কখনও কখনও শুনেছি। অতএব কেবলমাত্র ব্রাহ্মণীর আগ্রহ ও প্রেরণা তাঁকে সে বিষয়ে নিযুক্ত করেনি; সাধনপ্রসূত যোগদৃষ্টির প্রভাবেও তিনি এখন প্রাণে প্রাণে বুঝলেন—শাস্ত্রীয় প্রণালী অবলম্বন করে শ্রীশ্রীজগন্মাতাকে প্রত্যক্ষ করার সময় উপস্থিত হয়েছে। ঠাকুরের একনিষ্ঠ মন এভাবে ব্রাহ্মণীনির্দিষ্ট সাধনপথে এখন পূর্ণ আগ্রহে ধাবিত হল। সে আগ্রহের পরিমাণ ও তীব্রতা অনুভব করা আমাদের মতো ব্যক্তির পক্ষে সম্ভবপর নয়। কারণ পার্থিব নানা বিষয়ে প্রসারিত আমাদের মনের সে উপরতি ও একলক্ষ্যতা কোথায়? অন্তঃসমুদ্রের ঊর্মিমালার বিচিত্র রঙ্গভঙ্গে ভেসে না থেকে তার তল স্পর্শ করার জন্য সর্বস্ব ছেড়ে নিমগ্ন হওয়ার অসীম সাহস আমাদের কোথায়? ‘একেবারে ডুবে যা’, ‘আপনাতে আপনি ডুবে যা’ বলে ঠাকুর আমাদের বারংবার যেভাবে উৎসাহিত করতেন, সেভাবে জগতের সব পদার্থের এবং নিজের শরীরের প্রতি মায়ামমতা উচ্ছিন্ন করে আধ্যাত্মিকতার গভীর গর্ভে ডুবে যাওয়ার সামর্থ্য আমাদের কোথায়? আমরা যখন শুনি, ঠাকুর অসহ্য যন্ত্রণায় ব্যাকুল হয়ে ‘মা, দেখা দে’ বলে পঞ্চবটীমূলে গঙ্গাসৈকতে মুখ ঘষতেন এবং দিনের পর দিন চলে গেলেও তাঁর সেই ভাবের বিরাম হত না, তখন কথাগুলি কানে প্রবেশ করে মাত্র, হৃদয়ে অনুরূপ ঝংকারের কিছুমাত্র উপলব্ধি হয় না! হবেই বা কেন? শ্রীশ্রীজগন্মাতা যে যথার্থই আছেন এবং সর্বস্ব ছেড়ে ব্যাকুল হৃদয়ে তাঁকে ডাকলে তাঁর দর্শনলাভ যে যথার্থই সম্ভবপর—এ কথায় কি আমরা ঠাকুরের মতো সরলভাবে বিশ্বাস স্থাপন করেছি?
কাশীপুরে থাকার সময় ঠাকুর একদিন নিজের সাধনকালের মানসিক আগ্রহের পরিমাণ ও তীব্রতার কিঞ্চিৎ আভাস দিয়ে আমাদের স্তম্ভিত করেছিলেন; তখন আমরা যা অনুভব করেছিলাম, তা পাঠককে কতটা বোঝাতে পারব বলতে পারি না; কিন্তু কথাটি এখানে উল্লেখ করব।
কাশীপুরের বাগানে ঠাকুর নিজের সাধনকালের আগ্রহ সম্বন্ধে যা বলেছিলেন
ঈশ্বরলাভের জন্য স্বামী বিবেকানন্দের আকুল আগ্রহ তখন আমরা কাশীপুরে স্বচক্ষে দেখছিলাম। আইন পরীক্ষা দেওয়ার জন্য নির্ধারিত টাকা (ফি) জমা দিতে গিয়ে কেমন করে তাঁর চৈতন্যোদয় হল, তার প্রেরণায় অস্থির হয়ে কেমন করে তিনি একবস্ত্রে, নগ্নপদে জ্ঞানশূন্যের মতো শহরের রাস্তা দিয়ে ছুটে কাশীপুরে শ্রীগুরুর পদপ্রান্তে উপস্থিত হলেন এবং উন্মত্তের মতো নিজের মনোবেদনা নিবেদন করে তাঁর কৃপা লাভ করলেন, আহারনিদ্রা ত্যাগ করে কেমন করে তিনি সেই সময় থেকে দিনরাত ধ্যান, জপ, ভজন ও ঈশ্বরচর্চায় কালক্ষেপ করতে লাগলেন, অসীম সাধনোৎসাহে কেমন করে তাঁর কোমল হৃদয় তখন বজ্রকঠোর ভাবাপন্ন হয়ে নিজের মা ও ভাইদের অশেষ কষ্টে একেবারে উদাসীন হয়ে রইল এবং কেমন করে শ্রীগুরুপ্রদর্শিত সাধনপথে দৃঢ়নিষ্ঠার সঙ্গে অগ্রসর হয়ে তিনি দর্শনের পর দর্শন লাভ করতে করতে তিন-চার মাস পরেই নির্বিকল্প-সমাধিসুখ প্রথম অনুভব করলেন—সেই সব বিষয় তখন আমাদের চোখের সামনে অভিনীত হয়ে আমাদের স্তম্ভিত করছিল। ঠাকুর তখন পরমানন্দে নিত্য স্বামীজীর সেই অপূর্ব অনুরাগ, ব্যাকুলতা ও সাধনোৎসাহের ভূয়সী প্রশংসা করতেন। সেই সময়ে একদিন ঠাকুর নিজের অনুরাগ ও সাধনোৎসাহের সঙ্গে স্বামীজীর অনুরাগ-উৎসাহের তুলনা করে সেই প্রসঙ্গে বলেছিলেন, “নরেন্দ্রের অনুরাগ উৎসাহ অতি অদ্ভুত, (নিজেকে দেখিয়ে) এখানে তখন (সাধনকালে) ওসবের যে তোড় (বেগ) এসেছিল, তার তুলনায় এ যৎসামান্য—এ তার সিকিও হবে না।” ঠাকুরের সেই কথায় আমাদের মনে কেমন ভাবের উদয় হয়েছিল, হে পাঠক, পারো তো কল্পনার সাহায্যে তা অনুভব করো।
পঞ্চমুণ্ডাসন–নির্মাণ ও চৌষট্টিখানা তন্ত্রের সকল সাধনের অনুষ্ঠান
সে যা হোক, শ্রীশ্রীজগদম্বার ইঙ্গিতে ঠাকুর এখন সর্বস্ব ভুলে সাধনায় মগ্ন হলেন এবং প্রজ্ঞাসম্পন্না কর্মকুশলা ব্রাহ্মণী তান্ত্রিক ক্রিয়ার উপযোগী পদার্থগুলি সংগ্রহ করে সেগুলির প্রয়োগ সম্বন্ধে উপদেশ দিয়ে তাঁকে সহায়তা করতে অশেষ আয়াস করতে লাগলেন। মানুষ প্রভৃতি পঞ্চপ্রাণীর মস্তক-কঙ্কাল[1] গঙ্গাহীন অঞ্চল থেকে সযত্নে সংগ্রহ করে এনে দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির উদ্যানের উত্তর সীমান্তে অবস্থিত বিল্বতরুমূলে এবং ঠাকুরের স্বহস্ত-প্রোথিত পঞ্চবটীতলে সাধনানুকূল দুটি বেদিকা[2] নির্মাণ করা হল এবং প্রয়োজন মতো সেই দুই মুণ্ডাসনের একটির উপরে বসে জপ, পুরশ্চরণ ও ধ্যানাদিতে ঠাকুরের কাল কাটতে লাগল। কয়েক মাস ধরে কোথা দিয়ে দিনরাত আসতে ও যেতে লাগল, সে জ্ঞান এই অদ্ভুত সাধক ও উত্তরসাধিকার রইল না। ঠাকুর বলতেন,[3] “ব্রাহ্মণী দিনের বেলায় দূরে নানা জায়গায় ঘুরে তন্ত্রনির্দিষ্ট দুষ্প্রাপ্য পদার্থগুলি সংগ্রহ করত। রাতে বিল্বমূলে বা পঞ্চবটীতলে সমস্ত উদ্যোগ করে আমাকে ডাকত এবং সেই সব পদার্থের সাহায্যে শ্রীশ্রীজগদম্বার পূজা যথাবিধি সম্পন্ন করিয়ে জপধ্যানে নিমগ্ন হতে বলত। কিন্তু পূজার পর জপ প্রায়ই করতে পারতাম না, মন এত তন্ময় হয়ে পড়ত যে, মালা ফেরাতে গিয়ে সমাধিস্থ হতাম এবং সেই ক্রিয়ার শাস্ত্রনির্দিষ্ট ফল যথাযথ প্রত্যক্ষ করতাম। এভাবে এই সময়ে দর্শনের পর দর্শন, অনুভবের পর অনুভব, অদ্ভুত অদ্ভুত সব কতই যে প্রত্যক্ষ করেছি, তার ইয়ত্তা নেই। বিষ্ণুক্রান্তায় প্রচলিত চৌষট্টিখানা তন্ত্রে যত কিছু সাধনের কথা আছে, সবগুলিই ব্রাহ্মণী একে একে অনুষ্ঠান করিয়েছিল। কঠিন কঠিন সাধন—যা করতে গিয়ে অধিকাংশ সাধক পথভ্রষ্ট হয়—মার (শ্রীশ্রীজগদম্বার) কৃপায় সেসবে উত্তীর্ণ হয়েছি।
স্ত্রীমূর্তিতে দেবীজ্ঞানসিদ্ধি
“একদিন দেখি, ব্রাহ্মণী রাতে কোথা থেকে এক পূর্ণযৌবনা সুন্দরী রমণীকে ডেকে এনেছে এবং পূজার আয়োজন করে ৺দেবীর আসনে তাঁকে বিবস্ত্র করে বসিয়ে আমাকে বলছে, ‘বাবা, এঁকে দেবীবুদ্ধিতে পূজা করো!’ পূজা সাঙ্গ হলে বলল, ‘বাবা, সাক্ষাৎ জগজ্জননী জ্ঞানে এঁর কোলে বসে তন্ময়চিত্তে জপ করো!’ তখন আতঙ্কে কেঁদে মাকে (শ্রীশ্রীজগন্মাতাকে) বললাম, ‘মা, তোর শরণাগতকে এ কী আদেশ করছিস? দুর্বল সন্তানের এমন দুঃসাহসের সামর্থ্য কোথায়?’ এই বলামাত্র দিব্যবলে হৃদয় পূর্ণ হল এবং দেবতাবিষ্টের মতো কী করছি সম্যক না জেনে মন্ত্রোচ্চারণ করতে করতে রমণীর কোলে বসামাত্র সমাধিস্থ হয়ে পড়লাম! তারপর যখন জ্ঞান হল তখন ব্রাহ্মণী বলল, ‘ক্রিয়া পূর্ণ হয়েছে, বাবা; অপরে কষ্টে ধৈর্য ধারণ করে ওই অবস্থায় কিছুকাল জপমাত্র করেই ক্ষান্ত হয়, তুমি একেবারে শরীরবোধশূন্য হয়ে সমাধিস্থ হয়ে পড়েছ!’ শুনে আশ্বস্ত হলাম এবং পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য মাকে (শ্রীশ্রীজগদম্বাকে) কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে বারংবার প্রণাম করতে লাগলাম।
ঘৃণাত্যাগ
“আর একদিন দেখি, ব্রাহ্মণী শবের খর্পরে মৎস্য রেঁধে শ্রীশ্রীজগদম্বার তর্পণ করল এবং আমাকেও ওইরকম করিয়ে তা গ্রহণ করতে বলল। তার আদেশে তা-ই করলাম, মনে কোনো রকম ঘৃণার উদয় হল না।
“কিন্তু যেদিন সে (ব্রাহ্মণী) গলিত আম-মহামাংস-খণ্ড এনে তর্পণের পর তা জিহ্বা দিয়ে স্পর্শ করতে বলল, সেদিন ঘৃণায় বিচলিত হয়ে বলে উঠলাম, ‘তা কি কখনো করা যায়?’ শুনে সে বলল, ‘সে কী বাবা, এই দেখো আমি করছি!’ —বলেই সে তা নিজের মুখে নিয়ে ‘ঘৃণা করতে নেই’ বলে পুনরায় তার কিছু অংশ আমার সামনে ধরল। তাকে এমন করতে দেখে শ্রীশ্রীজগদম্বার প্রচণ্ডচণ্ডিকামূর্তির উদ্দীপনা হয়ে গেল এবং ‘মা’ ‘মা’ বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে পড়লাম। তখন ব্রাহ্মণী তা আমার মুখে দিলেও ঘৃণার উদয় হল না।
আনন্দাসনে সিদ্ধিলাভ, কুলাগারপূজা এবং তন্ত্রোক্ত সাধনকালে ঠাকুরের আচরণ
“এভাবে পূর্ণাভিষেক গ্রহণ করানোর পর থেকে ব্রাহ্মণী কত প্রকারের অনুষ্ঠান করিয়েছিল, তার ইয়ত্তা হয় না। সব কথা সব সময়ে এখন মনে আসে না। তবে মনে আছে, যেদিন সুরতক্রিয়াসক্ত নরনারীর সম্ভোগানন্দ দর্শন করে শিবশক্তির লীলাবিলাস জ্ঞানে মুগ্ধ ও সমাধিস্থ হয়ে পড়েছিলাম, সেই দিন বাহ্যচৈতন্য লাভের পর ব্রাহ্মণী বলেছিল, ‘বাবা, তুমি আনন্দাসনে সিদ্ধ হয়ে দিব্যভাবে প্রতিষ্ঠিত হলে, এটাই এই মতের (বীরভাবের) শেষ সাধন!’ তার কিছুকাল পরে একজন ভৈরবীকে পাঁচসিকা দক্ষিণা দিয়ে প্রসন্ন করে তাঁর সাহায্যে কালীঘরের নাটমন্দিরে দিনের বেলায় সর্বজনসমক্ষে কুলাগার-পূজার যথাবিধি অনুষ্ঠান করে বীরভাবের সাধন সম্পূর্ণ করেছিলাম। দীর্ঘদিনের তন্ত্রোক্ত সাধনের সময় আমার রমণীমাত্রে মাতৃভাব যেমন অক্ষুণ্ণ ছিল, তেমনই বিন্দুমাত্র ‘কারণ’ গ্রহণ করতে পারিনি। কারণের নাম বা গন্ধমাত্রেই জগৎকারণের উপলব্ধিতে আত্মহারা হতাম এবং ‘যোনি’-শব্দ শোনামাত্রই জগদ্-যোনির উদ্দীপনায় সমাধিস্থ হয়ে পড়তাম!”
শ্রীশ্রীগণপতির রমণীমাত্রে মাতৃজ্ঞান সম্বন্ধে ঠাকুরের গল্প
দক্ষিণেশ্বরে থাকার সময় ঠাকুর একদিন তাঁর রমণীমাত্রে মাতৃভাবের উল্লেখ করে একটি পৌরাণিক কাহিনি বলেছিলেন। সিদ্ধ জ্ঞানীদের অধিনায়ক শ্রীশ্রীগণপতিদেবের হৃদয়ে তেমন মাতৃজ্ঞান কীভাবে দৃঢ়প্রতিষ্ঠিত হয়েছিল, গল্পটি তারই বিবরণ। মদস্রাবিগজতুণ্ডাস্ফালিতবদন লম্বোদর দেবতাটির উপর এর আগে আমাদের ভক্তি-শ্রদ্ধার বড় একটা আতিশয্য ছিল না। কিন্তু ঠাকুরের শ্রীমুখে গল্পটি শোনার পর থেকে ধারণা হয়েছে, শ্রীশ্রীগণপতি বাস্তবিকই সব দেবতার আগে পূজা পাওয়ার যোগ্য।
কিশোর বয়সে গণেশ একদিন খেলা করতে করতে একটি বিড়াল দেখতে পান এবং বালসুলভ চপলতায় সেটিকে নানাভাবে কষ্ট দিয়ে ও মেরে ক্ষতবিক্ষত করেন। বিড়াল কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালালে গণেশ শান্ত হয়ে নিজের জননী শ্রীশ্রীপার্বতীদেবীর কাছে এসে দেখলেন, দেবীর শ্রীঅঙ্গের নানা স্থানে মারের চিহ্ন রয়েছে। বালক মায়ের এমন অবস্থা দেখে নিতান্ত ব্যথিত হয়ে তার কারণ জিজ্ঞাসা করলে দেবী বিমর্ষভাবে উত্তর দিলেন, “তুমিই আমার এই দুরবস্থার কারণ।” মাতৃভক্ত গণেশ সে কথায় বিস্মিত ও আরও দুঃখিত হয়ে সজলনয়নে বললেন, “সে কী কথা, মা! আমি তোমাকে কখন মারলাম? আর, এমন কোনো দুষ্কর্ম করেছি বলেও তো মনে পড়ছে না, যাতে তোমার অবোধ ছেলের জন্য অপরের হাতে তোমাকে এমন অপমান সহ্য করতে হয়।” জগন্ময়ী শ্রীশ্রীদেবী তখন বালককে বললেন, “ভেবে দেখো দেখি, কোনো জীবকে আজ তুমি মেরেছ কি না?” গণেশ বললেন, “তা করেছি; একটু আগেই একটা বিড়ালকে মেরেছি।” যার বিড়াল সে-ই মাকে এভাবে মেরেছে ভেবে গণেশ তখন কাঁদতে লাগলেন। অতঃপর শ্রীশ্রীগণেশজননী অনুতপ্ত বালককে সাদরে বুকে টেনে নিয়ে বললেন, “তা নয়, বাবা, তোমার সামনে আমার এই যে শরীর, একে কেউ মারেনি, কিন্তু আমিই বিড়াল প্রভৃতি যাবতীয় প্রাণীর রূপে সংসারে বিচরণ করছি, এজন্য তোমার মারের চিহ্ন আমার অঙ্গে দেখতে পাচ্ছ। তুমি না জেনে এমন করেছ, সেজন্য দুঃখ কোরো না, কিন্তু আজ থেকে এ কথা মনে রেখো, স্ত্রীমূর্তিবিশিষ্ট জীবেরা আমার অংশে উদ্ভূত হয়েছে এবং পুংমূর্তিধারী জীবেরা তোমার পিতার অংশে জন্মগ্রহণ করেছে—শিব ও শক্তি ছাড়া জগতে কেউ বা কিছুই নেই।” গণেশ মায়ের সেই কথা শ্রদ্ধাসম্পন্ন হয়ে হৃদয়ে ধারণ করে রইলেন এবং বিবাহের বয়স হলে মাকে বিবাহ করতে হবে ভেবে উদ্বাহবন্ধনে আবদ্ধ হতে অসম্মত হলেন। এভাবে শ্রীশ্রীগণেশ চিরকাল ব্রহ্মচারী হয়ে রইলেন এবং শিবশক্ত্যাত্মক জগৎ—এই কথা হৃদয়ে সর্বদা ধারণা করে থাকায় জ্ঞানীদের অগ্রগণ্য হলেন।
গণেশ ও কার্তিকের জগৎপরিভ্রমণবিষয়ক গল্প
আগের গল্পটি বলে ঠাকুর শ্রীশ্রীগণপতির জ্ঞানগরিমাসূচক এই কাহিনিটিও বলেছিলেন: একসময় শ্রীশ্রীপার্বতীদেবী নিজের বহুমূল্য রত্নমালা দেখিয়ে গণেশ ও কার্তিককে বলেন, চতুর্দশভুবনান্বিত জগৎ পরিভ্রমণ করে তোমাদের মধ্যে যে আগে আমার কাছে উপস্থিত হবে, তাকে আমি এই রত্নমালা দেব। শিখিবাহন কার্তিকেয় অগ্রজের লম্বোদর স্থূল তনুর ভার এবং তাঁর বাহন মূষিকের মন্দগতি মনে করে বিদ্রূপের হাসি হাসলেন এবং ‘রত্নমালা আমারই হয়েছে’ স্থির করে ময়ূরে চড়ে জগৎ-পরিভ্রমণে বেরিয়ে পড়লেন। কার্তিক চলে যাওয়ার বহুক্ষণ পরে গণেশ আসন পরিত্যাগ করলেন এবং প্রজ্ঞাচক্ষুর সাহায্যে শিবশক্ত্যাত্মক জগৎকে শ্রীশ্রীহরপার্বতীর শরীরে অবস্থিত দেখে ধীরপদে তাঁদের পরিক্রমণ ও বন্দনা করে নিশ্চিন্ত মনে বসে রইলেন। তারপর কার্তিক ফিরে এলে শ্রীশ্রীপার্বতীদেবী প্রসাদী রত্নমালা গণপতির প্রাপ্য বলে জানিয়ে সস্নেহে সেটি তাঁর গলায় পরিয়ে দিলেন।
এভাবে শ্রীশ্রীগণপতির রমণীমাত্রে মাতৃভাবের উল্লেখ করে ঠাকুর বললেন, “আমারও রমণীমাত্রে ওইরকম ভাব; সেইজন্য বিবাহিতা স্ত্রীর ভিতরে শ্রীশ্রীজগদম্বার মাতৃমূর্তির সাক্ষাৎ দর্শন পেয়ে পূজা ও পাদবন্দনা করেছিলাম।”
তন্ত্রসাধনে ঠাকুরের বিশেষত্ব
রমণীমাত্রে মাতৃজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ রেখে তন্ত্রোক্ত বীরভাবে সাধনগুলি অনুষ্ঠান করার কথা আমরা কোনো যুগে কোনো সাধকের সম্বন্ধে শুনিনি। বীরমতাশ্রয়ী হয়ে সাধকমাত্রেই এ কাল পর্যন্ত শক্তিগ্রহণ করে এসেছেন। বীরাচারী সাধকবর্গের মনে সেই কারণে একটা দৃঢ়বদ্ধ ধারণা হয়েছে, শক্তিগ্রহণ না করলে সাধনায় সিদ্ধি বা শ্রীশ্রীজগদম্বার প্রসন্নতালাভ একান্ত অসম্ভব। নিজের পাশব প্রবৃত্তির এবং সেই ধারণার বশবর্তী হয়ে সাধকেরা কখনও কখনও পরকীয়া শক্তিগ্রহণেও বিরত থাকেন না। লোকে সেজন্য তন্ত্রশাস্ত্রনির্দিষ্ট বীরাচারমতের নিন্দা করে থাকে।
সেই বিশেষত্ব ৺জগদম্বার অভিপ্রেত
যুগাবতার অলৌকিক ঠাকুরই কেবল নিজের সম্বন্ধে এ কথা আমাদের বারংবার বলেছেন, আজীবন তিনি কখনও স্বপ্নেও স্ত্রীগ্রহণ করেননি। অতএব শ্রীশ্রীজগদম্বা যে আজন্ম মাতৃভাবাবলম্বী ঠাকুরকে বীরমতের সাধনগুলির অনুষ্ঠানে প্রবৃত্ত করিয়েছিলেন, তাতে তাঁর গূঢ় অভিপ্রায় সুস্পষ্ট প্রতিপন্ন হয়।
শক্তি গ্রহণ না করে ঠাকুরের সিদ্ধিলাভে যা প্রমাণিত হয়
ঠাকুর বলতেন, সাধনগুলির কোনোটিতে সাফল্য লাভ করতে তাঁর তিন দিনের বেশি সময় লাগেনি। ‘কোনো সাধন গ্রহণ করে ফল প্রত্যক্ষ করার জন্য ব্যাকুল হৃদয়ে শ্রীশ্রীজগদম্বাকে ধরে বসলে তিন দিনেই তাতে সিদ্ধকাম হতাম।’ শক্তিগ্রহণ না করে বীরাচারের সাধনকালে তিনি যে এভাবে অল্প সময়ে সাফল্য লাভ করেছিলেন, তাতে এ কথা স্পষ্ট প্রতিপন্ন হয় যে, পঞ্চ’ম’কার বা স্ত্রীগ্রহণ সেই সব অনুষ্ঠানের অবশ্যকর্তব্য অঙ্গ নয়। সংযমরহিত সাধক নিজের দুর্বল প্রকৃতির বশবর্তী হয়ে তেমন করে থাকে। সাধক তেমন করে বসলেও তন্ত্র যে তাকে অভয় দান করেছেন এবং পুনঃপুনঃ অভ্যাসের ফলে কালে সে দিব্যভাবে প্রতিষ্ঠিত হবে—এই উপদেশ দিয়েছেন, তাতে সেই শাস্ত্রের পরম কারুণিকত্বই উপলব্ধি করা যায়।
তন্ত্রোক্ত অনুষ্ঠানগুলির উদ্দেশ্য
অতএব রূপ-রসাদি যেসব পদার্থ মানবসাধারণকে প্রলোভিত করে পুনঃপুনঃ জন্মমরণাদি অনুভব করাচ্ছে এবং ঈশ্বরলাভ ও আত্মজ্ঞানের অধিকারী হতে দিচ্ছে না, সংযমের সাহায্যে বারংবার উদ্যম ও চেষ্টার দ্বারা সেগুলিকে ঈশ্বরের মূর্তি বলে অবধারণ করতে সাধককে অভ্যস্ত করানোই তান্ত্রিক ক্রিয়াগুলির উদ্দেশ্য বলে অনুমিত হয়। সাধকের সংযম ও সর্বভূতে ঈশ্বরধারণার তারতম্য বিচার করেই তন্ত্র পশু, বীর ও দিব্যভাবের অবতারণা করেছেন এবং সাধককে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাবে ঈশ্বরোপাসনায় অগ্রসর হতে উপদেশ দিয়েছেন। কিন্তু কঠোর সংযমকে ভিত্তি করে তন্ত্রোক্ত সাধনগুলিতে প্রবৃত্ত হলে ফল প্রত্যক্ষ হবে, নতুবা নয়—এ কথা লোকে কালধর্মে প্রায় বিস্মৃত হয়েছিল এবং তাদের অনুষ্ঠিত কুক্রিয়াগুলির জন্য তন্ত্রশাস্ত্রই দায়ী স্থির করে সাধারণে তার নিন্দাবাদে প্রবৃত্ত হয়েছিল। অতএব রমণীমাত্রে মাতৃভাবে পূর্ণহৃদয় ঠাকুরের এই সব অনুষ্ঠানের সাফল্য দেখে যথার্থ সাধককুল কোন লক্ষ্যে চলতে হবে, তার নির্দেশ লাভ করে যেমন উপকৃত হয়েছে, তন্ত্রশাস্ত্রের প্রামাণ্যও তেমনি সুপ্রতিষ্ঠিত হয়ে সেই শাস্ত্র মহিমান্বিত হয়েছে।
ঠাকুরের তন্ত্রসাধনের অন্য কারণ
ঠাকুর এই সময়ে তন্ত্রোক্ত রহস্যসাধনগুলির অনুষ্ঠান দুই বছরের কিছু বেশি সময় ধরে একাদিক্রমে করলেও, সেগুলির আদ্যোপান্ত বিবরণ আমাদের কাউকে কখনও বলেছেন বলে বোধ হয় না। তবে সাধনপথে উৎসাহিত করার জন্য সেই সব কথার অল্পবিস্তর আমাদের অনেককে সময়ে সময়ে বলেছেন, অথবা ব্যক্তিগত প্রয়োজন বুঝে কদাচিৎ কাউকে কোনো কোনো ক্রিয়ার অনুষ্ঠান করিয়েছেন। তন্ত্রোক্ত ক্রিয়াগুলির অনুষ্ঠান করে অসাধারণ অনুভবগুলি নিজে প্রত্যক্ষ না করলে পরবর্তী কালে তাঁর কাছে আসা নানা প্রকৃতির ভক্তদের মানসিক অবস্থা ধরে সাধনপথে সহজে অগ্রসর করিয়ে দিতে পারবেন না বলেই যে শ্রীশ্রীজগন্মাতা ঠাকুরকে এ সময় এই পথের সঙ্গে সম্যক পরিচিত করিয়েছিলেন—এ কথা বোঝা যায়। শরণাগত ভক্তদের কীভাবে কতরকমে তিনি সাধনপথে অগ্রসর করিয়ে দিতেন, তার কিঞ্চিৎ আভাস আমরা অন্যত্র[4] দিয়েছি; তা পড়লে আমাদের আগের কথার যুক্তিযুক্ততা বুঝতে পাঠকের বিলম্ব হবে না। অতএব এখানে তার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন।
তন্ত্রসাধনকালে ঠাকুরের দর্শন ও অনুভবগুলি
সাধনক্রিয়াগুলির কথা ওইভাবে বলা ছাড়াও ঠাকুর তাঁর তন্ত্রোক্ত সাধনকালের অনেকগুলি দর্শন ও অনুভবের কথা আমাদের কাছে মধ্যে মধ্যে উল্লেখ করতেন। আমরা এখন সেগুলির কয়েকটি পাঠককে বলব।
শিবানীর উচ্ছিষ্টগ্রহণ
তিনি বলতেন, তন্ত্রোক্ত সাধনের সময় তাঁর আগের স্বভাবের আমূল পরিবর্তন ঘটেছিল। শ্রীশ্রীজগদম্বা সময়ে সময়ে শিবারূপ পরিগ্রহ করে থাকেন শুনে এবং কুকুরকে ভৈরবের বাহন জেনে তিনি সেই সময়ে তাদের উচ্ছিষ্ট খাদ্যকে পবিত্রবোধে গ্রহণ করতেন। মনে কোনো রকম দ্বিধা হত না।
নিজেকে জ্ঞানাগ্নিব্যাপ্ত দর্শন
শ্রীশ্রীজগদম্বার পাদপদ্মে দেহ, মন, প্রাণ আহুতি দিয়ে তিনি সেই সময়ে নিজেকে অন্তরে বাইরে জ্ঞানাগ্নি-পরিব্যাপ্ত দেখেছিলেন।
কুণ্ডলিনী–জাগরণ–দর্শন
কুণ্ডলিনী জাগরিত হয়ে মস্তকে ওঠার সময় মূলাধার থেকে সহস্রার পর্যন্ত পদ্মগুলি ঊর্ধ্বমুখ ও পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে এবং সেগুলি একের পর এক যেমনি প্রস্ফুটিত হচ্ছে, অমনি অপূর্ব অনুভবগুলি অন্তরে উদিত হচ্ছে[5]—এ সবই ঠাকুর এই সময়ে প্রত্যক্ষ করেছিলেন। দেখেছিলেন—এক জ্যোতির্ময় দিব্য পুরুষমূর্তি সুষুম্নার মধ্য দিয়ে সেই সব পদ্মের কাছে উপস্থিত হয়ে জিহ্বা দিয়ে স্পর্শ করে সেগুলিকে প্রস্ফুটিত করে দিচ্ছেন।
ব্রহ্মযোনিদর্শন
এক সময়ে স্বামী বিবেকানন্দ ধ্যান করতে বসলেই তাঁর সামনে সুবৃহৎ বিচিত্র জ্যোতির্ময় একটি ত্রিকোণ আপনা থেকেই উদিত হত এবং সেই ত্রিকোণকে জীবন্ত বলে তাঁর বোধ হত। একদিন দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে এ বিষয়ে বলায়, তিনি বলেছিলেন, “বেশ, বেশ, তোর ব্রহ্মযোনিদর্শন হয়েছে। বিল্বমূলে সাধনকালে আমিও ওইরকম দেখতাম এবং সেটা প্রতি মুহূর্তে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রসব করছে, দেখতে পেতাম।”
অনাহতধ্বনি–শ্রবণ
ব্রহ্মাণ্ডের অন্তর্গত পৃথক পৃথক যাবতীয় ধ্বনি একত্র হয়ে এক বিরাট প্রণবধ্বনিরূপে প্রতি মুহূর্তে জগতের সর্বত্র আপনা থেকেই উদিত হচ্ছে—ঠাকুর এই সময়ে তা প্রত্যক্ষ করেছিলেন। আমাদের কেউ কেউ বলেন, এই সময়ে তিনি পশু, পক্ষী প্রভৃতি মনুষ্যেতর জন্তুদের ধ্বনিগুলির যথাযথ অর্থ বুঝতে পারতেন—এ কথা তাঁরা ঠাকুরের শ্রীমুখে শুনেছেন।
কুলাগারে ৺দেবীদর্শন
স্ত্রীযোনির মধ্যে তিনি এই সময়ে শ্রীশ্রীজগদম্বাকে সাক্ষাৎ অধিষ্ঠিত দেখেছিলেন।
অষ্টসিদ্ধি সম্বন্ধে স্বামী বিবেকানন্দের সঙ্গে ঠাকুরের কথা
এই সময়ের শেষে ঠাকুর নিজের মধ্যে অণিমাদি সিদ্ধি বা বিভূতির আবির্ভাব অনুভব করেছিলেন এবং নিজের ভাগনে হৃদয়ের পরামর্শে সেগুলি প্রয়োগ করার ইতিকর্তব্যতা সম্বন্ধে শ্রীশ্রীজগদম্বার কাছে একদিন জানতে গিয়ে দেখেছিলেন, সেগুলি বেশ্যা-বিষ্ঠার তুল্য হেয় ও সর্বতোভাবে পরিত্যাজ্য। তিনি বলতেন, সেই দর্শনের পর থেকে সিদ্ধাইয়ের নামে তাঁর ঘৃণার উদয় হত।
ঠাকুরের অণিমাদি সিদ্ধিকালের অনুভবপ্রসঙ্গে একটি কথা আমাদের মনে পড়ছে। স্বামী বিবেকানন্দকে তিনি পঞ্চবটীতলে নির্জনে একদিন ডেকে বলেছিলেন, “দ্যাখ, আমাতে প্রসিদ্ধ অষ্টসিদ্ধি উপস্থিত রয়েছে; কিন্তু আমি ওসবের কখনও প্রয়োগ করব না, এ কথা বহু আগে থেকে স্থির করেছি—ওসবের প্রয়োগ করার আমার কোনো রকম আবশ্যকতাও দেখি না; তোকে ধর্মপ্রচার প্রভৃতি অনেক কাজ করতে হবে, তোকেই ওসব দান করব স্থির করেছি—গ্রহণ কর।” স্বামীজী তার উত্তরে জিজ্ঞাসা করেন, “মহাশয়, ওসব আমাকে ঈশ্বরলাভে কোনো রকম সহায়তা করবে কি?” পরে ঠাকুরের উত্তরে যখন বুঝলেন, সেগুলি ধর্মপ্রচারাদি কাজে কিছুদূর পর্যন্ত সহায়তা করতে পারলেও ঈশ্বরলাভে কোনো রকম সহায়তা করবে না, তখন তিনি সেগুলি গ্রহণে অসম্মত হলেন। স্বামীজী বলতেন, তাঁর সেই আচরণে ঠাকুর তাঁর উপর আরও প্রসন্ন হয়েছিলেন।
মোহিনীমায়া–দর্শন
শ্রীশ্রীজগন্মাতার মোহিনীমায়া দর্শন করার ইচ্ছা মনে জেগে ওঠায় ঠাকুর এই সময়ে দর্শন করেছিলেন—এক অপূর্ব সুন্দরী স্ত্রীমূর্তি গঙ্গাগর্ভ থেকে উঠে ধীর পদবিক্ষেপে পঞ্চবটীতে এলেন; ক্রমে দেখলেন, সেই রমণী পূর্ণগর্ভা; পরে দেখলেন, সেই রমণী তাঁর সামনেই সুন্দর কুমার প্রসব করে তাকে কত স্নেহে স্তন্যদান করছেন; পরক্ষণে দেখলেন, রমণী কঠোর করালবদনা হয়ে সেই শিশুকে গ্রাস করে পুনরায় গঙ্গাগর্ভে প্রবেশ করলেন।
ষোড়শীমূর্তির সৌন্দর্য
যেসব দর্শনের কথা আগে বলা হল, সেগুলি ছাড়া ঠাকুর এই সময়ে দশভুজা থেকে দ্বিভুজা পর্যন্ত কত যে দেবীমূর্তি প্রত্যক্ষ করেছিলেন, তার ইয়ত্তা হয় না। তাঁদের মধ্যে কোনো কোনো মূর্তি তাঁকে নানাভাবে উপদেশ দিয়েছিলেন। সেই মূর্তিগুলি সবই অপূর্ব সুরূপা হলেও শ্রীশ্রীরাজরাজেশ্বরী বা ষোড়শীমূর্তির সৌন্দর্যের সঙ্গে তাঁদের রূপের তুলনা হয় না—এ কথা আমরা তাঁকে বলতে শুনেছি। তিনি বলতেন—“ষোড়শী বা ত্রিপুরামূর্তির অঙ্গ থেকে রূপ-সৌন্দর্য গলে চারদিকে পড়তে ও বিচ্ছুরিত হতে দেখেছিলাম।” এ ছাড়া ভৈরবাদি নানা দেবমূর্তির দর্শনও ঠাকুর এই সময়ে পেয়েছিলেন।
অলৌকিক দর্শন ও অনুভবগুলি ঠাকুরের জীবনে তন্ত্রসাধনকাল থেকে নিত্য এতই আসত যে, সেগুলির সম্যক উল্লেখ করা মনুষ্যশক্তির সাধ্যাতীত বলে আমাদের প্রতীতি হয়েছে।
তন্ত্রসাধনে সিদ্ধিলাভে ঠাকুরের দেহবোধরাহিত্য ও বালকভাব–প্রাপ্তি
তন্ত্রোক্ত-সাধনকাল থেকে ঠাকুরের সুষুম্নাদ্বার পূর্ণভাবে উন্মোচিত হয়েছিল এবং তিনি বালকবৎ অবস্থায় সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন—এ কথা আমরা তাঁর শ্রীমুখে শুনেছি। এই সময়ের শেষভাগ থেকে তিনি চেষ্টা করলেও পরনের কাপড় ও যজ্ঞসূত্রাদি গায়ে রাখতে পারতেন না। সেগুলি কখন যে কোথায় পড়ে যেত, তা জানতে পারতেন না। শ্রীশ্রীজগদম্বার শ্রীপাদপদ্মে মন সতত নিবিষ্ট থাকত বলে তাঁর শরীরবোধ থাকত না—এটাই যে তার হেতু, তা আর বলতে হবে না। নতুবা স্বেচ্ছায় তিনি যে কখনও সেরকম করেননি বা অন্যত্র দেখা পরমহংসদের মতো উলঙ্গ থাকতে অভ্যাস করেননি—এ কথা আমরা তাঁর শ্রীমুখে অনেক বার শুনেছি। ঠাকুর বলতেন, সেই সব সাধনের শেষে তাঁর সব পদার্থে অদ্বৈতবুদ্ধি এত বেড়ে উঠেছিল যে, ছেলেবেলা থেকে তিনি যাকে হেয় নগণ্য বস্তু বলে মনে করতেন, তাকেও মহাপবিত্র বস্তুগুলির তুল্য দেখতেন। বলতেন—“তুলসী ও সজিনাগাছের পাতা সমানভাবে পবিত্র বোধ হত।”
তন্ত্রসাধনকালে ঠাকুরের অঙ্গকান্তি
এই সময় থেকে আরম্ভ করে কয়েক বছর ধরে ঠাকুরের অঙ্গকান্তি এত বেড়ে উঠেছিল যে তিনি সর্বদা সর্বত্র লোকের দৃষ্টি আকর্ষণ করতেন। এতে তাঁর নিরভিমান চিত্তে এত বিরক্তির উদয় হত যে তিনি সেই দিব্যকান্তি পরিহারের জন্য শ্রীশ্রীজগদম্বার কাছে অনেক সময় প্রার্থনা করে বলতেন—“মা, আমার এ বাহ্য রূপে কিছুমাত্র প্রয়োজন নেই। তা নিয়ে তুই আমাকে আন্তরিক আধ্যাত্মিক রূপ দে!” তাঁর সেই প্রার্থনা কালে পূর্ণ হয়েছিল, এ কথা আমরা পাঠককে অন্যত্র বলেছি।[6]
ভৈরবী ব্রাহ্মণী শ্রীশ্রীযোগমায়ার অংশ ছিলেন
তন্ত্রোক্ত সাধনে ব্রাহ্মণী যেমন ঠাকুরকে সহায়তা করেছিলেন, ঠাকুরও তেমনই ব্রাহ্মণীর আধ্যাত্মিক জীবন পূর্ণ করতে পরবর্তী কালে বিশেষ সহায়তা করেছিলেন। তিনি তা না করলে ব্রাহ্মণী যে দিব্যভাবে প্রতিষ্ঠিত হতে পারতেন না, এ কথার আভাস আমরা পাঠককে অন্যত্র দিয়েছি।[7] ব্রাহ্মণীর নাম যোগেশ্বরী ছিল এবং ঠাকুর তাঁকে শ্রীশ্রীযোগমায়ার অংশসম্ভূতা বলে উল্লেখ করতেন।
তন্ত্রসাধনের প্রভাবে দিব্যশক্তি লাভ করে ঠাকুরের অন্য এক বিষয়ের উপলব্ধি হয়েছিল। শ্রীশ্রীজগদম্বার প্রসাদে তিনি জানতে পেরেছিলেন, পরবর্তী কালে বহু ব্যক্তি তাঁর কাছে ধর্মলাভের জন্য এসে কৃতার্থ হবে। পরম অনুগত শ্রীযুক্ত মথুর ও হৃদয় প্রভৃতিকে তিনি সেই উপলব্ধির কথা বলেছিলেন। তা শুনে মথুর বলেছিলেন, “বেশ তো বাবা, সকলে মিলে তোমাকে নিয়ে আনন্দ করব!”
[1] ইদানীং শৃণু দেবেশি মুণ্ডসাধনমুত্তমম্।
যৎ কৃত্বা সাধকো যাতি মহাদেব্যাঃ পরং পদম্॥ ৫১
নর–মহিষ–মার্জার–মুণ্ডত্রয়ং বরাননে।
অথবা পরমেশানি নৃমুণ্ডত্রয়মাদরাৎ॥ ৫২
শিবাসর্পসারমেয়বৃষভাণাং মহেশ্বরী।
নরমুণ্ডং তথা মধ্যে পঞ্চমুণ্ডানি হীরিতম্॥ ৫৩
অথবা পরমেশানি নরাণাং পঞ্চমুণ্ডকান্।
তথা শতং সহস্রং বাযুতং লক্ষং তথৈব চ॥ ৫৪
নিযুতঞ্চাথবা কোটিং নৃমুণ্ডান্ পরমেশ্বরি।
নরমুণ্ডং স্থাপয়িত্বা প্রোথয়িত্বা ধরাতলে॥ ৫৫
বিতস্তিপ্রমিতাং বেদীং তস্যোপরি প্রকল্পয়েৎ।
আয়ামপ্রস্থতো দেবী চতুর্হস্তৌ সমাচরেৎ॥ ৫৬
– যোগিনীতন্ত্রম্ – পঞ্চমপটলঃ
[2] সচরাচর পঞ্চমুণ্ডসংযুক্ত একটি বেদিকা নির্মাণ করে সাধকেরা জপধ্যানাদি অনুষ্ঠান করে থাকেন; ঠাকুর কিন্তু দুটি মুণ্ডাসনের কথা আমাদের বলেছিলেন, তার মধ্যে বিল্বমূলের বেদিকার নিচে তিনটি নরমুণ্ড প্রোথিত ছিল এবং পঞ্চবটীতলের বেদিকায় পাঁচ প্রকার জীবের পাঁচটি মুণ্ড প্রোথিত ছিল। সাধনায় সিদ্ধ হওয়ার কিছুকাল পরে তিনি মুণ্ডকঙ্কালগুলি গঙ্গাগর্ভে ফেলে দিয়ে আসন দুটি ভেঙে দিয়েছিলেন। সাধনায় ত্রিমুণ্ডাসন প্রশস্ততর বলে হোক অথবা বিল্বমূল তখন অধিকতর নির্জন থাকায় বিশেষ ক্রিয়াগুলি অনুষ্ঠানের সুবিধা হবে বলেই হোক, দুটি আসন নির্মিত হয়েছিল। বিল্বমূলের কাছেই কোম্পানির বারুদখানা বিদ্যমান থাকায় হোমাদির জন্য সেখানে অগ্নি প্রজ্বলিত করার অসুবিধা ছিল বলে দুটি মুণ্ডাসন নির্মিত হয়েছিল, এমনও হতে পারে।
[3] ঠাকুরের শ্রীমুখে ভিন্ন ভিন্ন সময়ে যা শোনা গিয়েছে, তা-ই এখানে সম্বদ্ধভাবে দেওয়া গেল।
[4] গুরুভাব – পূর্বার্ধ, ১ম ও ২য় অধ্যায়।
[5] গুরুভাব – পূর্বার্ধ, ২য় অধ্যায়।
[6] গুরুভাব – পূর্বার্ধ, ৭ম অধ্যায়।
[7] গুরুভাব – পূর্বার্ধ, ৮ম অধ্যায়।
ঠাকুরের কৃপালাভে মথুরের অনুভব ও আচরণ
সন ১২৬৭ সালের শেষভাগে পুণ্যবতী রানী রাসমণির দেহত্যাগের পর ভৈরবী শ্রীমতী যোগেশ্বরী দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিলেন। সেই সময় থেকে শুরু করে সন ১২৬৯ সালের শেষভাগ পর্যন্ত ঠাকুর তন্ত্রোক্ত সাধনগুলির অনুষ্ঠান করেছিলেন। আমরা ইতিপূর্বে বলেছি, সেই সময়ের শুরু থেকে মথুরবাবু ঠাকুরের সেবাধিকার পূর্ণভাবে লাভ করে ধন্য হয়েছিলেন। সেই সময়ের আগে মথুর বারংবার পরীক্ষা করে ঠাকুরের অদৃষ্টপূর্ব ঈশ্বরানুরাগ, সংযম ও ত্যাগবৈরাগ্য সম্বন্ধে দৃঢ়নিশ্চয় হয়েছিলেন। কিন্তু আধ্যাত্মিকতার সঙ্গে তাঁর ভিতরে মধ্যে মধ্যে উন্মত্ততারূপ ব্যাধির সংযোগ হয় কি না, তা নিয়ে তিনি তখনও একটা স্থির সিদ্ধান্ত করতে পারেননি। তন্ত্রসাধনকালে তাঁর মন থেকে এই সংশয় সম্পূর্ণভাবে দূরীভূত হয়েছিল। শুধু তা-ই নয়, অলৌকিক বিভূতিগুলির বারংবার প্রকাশ দেখতে পেয়ে এই সময়ে তাঁর মনে দৃঢ় ধারণা হয়েছিল, তাঁর ইষ্টদেবী তাঁর প্রতি প্রসন্ন হয়ে শ্রীরামকৃষ্ণ-বিগ্রহ অবলম্বন করে তাঁর সেবা নিচ্ছেন, সঙ্গে সঙ্গে ঘুরে তাঁকে সব বিষয়ে রক্ষা করছেন, এবং তাঁর প্রভুত্ব ও বিষয়াধিকার সর্বতোভাবে অক্ষুণ্ণ রেখে তাঁকে দিন দিন অশেষ মর্যাদা ও গৌরবে ভরিয়ে তুলছেন। মথুরামোহন তখন যে কাজে হাত দিতেন, তাতেই সিদ্ধকাম হতেন এবং ঠাকুরের কৃপালাভে নিজেকে বিশেষভাবে দৈবসহায়বান বলে অনুভব করতেন। সুতরাং ঠাকুরের সাধনানুকূল দ্রব্যগুলি সংগ্রহ করতে এবং তাঁর অভিপ্রায়মতো দেবসেবা ও অন্যান্য সৎকর্মে মথুর যে এই সময়ে বহুল অর্থব্যয় করেছিলেন, তাতে বিচিত্র কিছু নেই।
সাধনার সাহায্যে ঠাকুরের আধ্যাত্মিক শক্তিপ্রকাশ দিন দিন যত বাড়ছিল, তাঁর শ্রীপদাশ্রয়ী মথুরের সব বিষয়ে উৎসাহ, সাহস ও বল ততই বৃদ্ধি পাচ্ছিল। ঈশ্বরে পূর্ণ বিশ্বাস রেখে তাঁর আশ্রয় ও কৃপা লাভ করে ভক্ত নিজের হৃদয়ে যে অপূর্ব উৎসাহ ও বলসঞ্চার অনুভব করেন, মথুরের অনুভূতি তখন তেমনই হয়েছিল। তবে রজোগুণী সংসারী মথুরের ভক্তি ঠাকুরের সেবা ও পুণ্যকাজগুলির অনুষ্ঠানমাত্র করেই পরিতুষ্ট থাকত, আধ্যাত্মিক রাজ্যের অন্তরে প্রবেশ করে গূঢ় রহস্যগুলি প্রত্যক্ষ করতে অগ্রসর হত না। সেরকম না হলেও মথুরের মন কিন্তু তাঁকে এ কথা স্থির বুঝিয়েছিল যে, ঠাকুরই তাঁর বল, বুদ্ধি, ভরসা, তাঁর ইহকাল-পরকালের সম্বল এবং তাঁর বৈষয়িক উন্নতি ও পদমর্যাদালাভের মূলীভূত কারণ।
মথুরের অন্নমেরুব্রতানুষ্ঠান
ঠাকুরের কৃপালাভে মথুর যে তখন নিজেকে বিশেষ মহিমান্বিত জ্ঞান করেছিলেন, তার পরিচয় আমরা তাঁর এই সময়ের কাজে পাই। ‘রানী রাসমণির জীবনবৃত্তান্ত’-শীর্ষক গ্রন্থে দেখা যায়, মথুর এই সময়ে (সন ১২৭০ সালে) বহুব্যয়সাধ্য অন্নমেরুব্রতের অনুষ্ঠান করেছিলেন। হৃদয় বলত, এই ব্রতের সময় প্রভূত সোনা-রুপো ছাড়াও হাজার মণ চাল ও হাজার মণ তিল ব্রাহ্মণপণ্ডিতদের দান করা হয়েছিল, এবং ‘সহচরী’ নামের প্রসিদ্ধ গায়িকার কীর্তন, রাজনারায়ণের চণ্ডীর গান ও যাত্রা প্রভৃতিতে দক্ষিণেশ্বর কালীবাড়ি কিছুকালের জন্য উৎসবক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই সব গায়ক-গায়িকার ভক্তিরসাশ্রিত সংগীত শুনে ঠাকুরকে মুহুর্মুহু ভাবসমাধিতে মগ্ন হতে দেখে শ্রীযুত মথুর তাদের গুণপনার পরিমাপক বলে ঠাকুরের পরিতৃপ্তির তারতম্যকেই স্থির করেছিলেন, এবং পারিতোষিক হিসেবে তাদের বহুমূল্য শাল, রেশমি কাপড় ও প্রচুর টাকা দিয়েছিলেন।
বৈদান্তিক পণ্ডিত পদ্মলোচনের সঙ্গে ঠাকুরের সাক্ষাৎ
সেই ব্রতানুষ্ঠানের অল্প কিছুদিন আগে ঠাকুর বর্ধমানরাজের প্রধান সভাপণ্ডিত শ্রীযুক্ত পদ্মলোচনের গভীর পাণ্ডিত্য ও নিরভিমানিতার কথা শুনে তাঁকে দেখতে গিয়েছিলেন। ঠাকুর বলতেন, অন্নমেরুব্রতের সময় আহূত পণ্ডিতসভায় পদ্মলোচনকে এনে দান গ্রহণ করানোর জন্য শ্রীযুত মথুরের বিশেষ আগ্রহ হয়েছিল। ঠাকুরের প্রতি পদ্মলোচনের অচলা ভক্তির কথা জানতে পেরে মথুর সেই পণ্ডিতকে নিমন্ত্রণ করতে হৃদয়রামকে পাঠিয়েছিলেন। শ্রীযুক্ত পদ্মলোচন নানা কারণে মথুরের সেই নিমন্ত্রণ গ্রহণ করতে পারেননি। পদ্মলোচন পণ্ডিতের কথা আমরা পাঠককে অন্যত্র সবিস্তারে বলেছি।[1]
ঠাকুরের বৈষ্ণবমতের সাধনগুলিতে প্রবৃত্ত হওয়ার কারণ
তান্ত্রিক সাধনসমূহের অনুষ্ঠানের পর ঠাকুর বৈষ্ণব মতের সাধনগুলির প্রতি আকৃষ্ট হয়েছিলেন।[2] এমন হওয়ার কতকগুলি স্বাভাবিক কারণ আমরা অনুসন্ধান করে পাই। প্রথম—ভক্তিমতী ব্রাহ্মণী বৈষ্ণবতন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত সাধনগুলিতে স্বয়ং পারদর্শী ছিলেন, এবং সেই ভাবগুলির একটিকে আশ্রয় করে তন্ময় চিত্তে অনেক কাল থাকতেন। নন্দরানী যশোদার ভাবে তন্ময় হয়ে ঠাকুরকে বালগোপাল জ্ঞানে খাওয়ানোর কথা আমরা তাঁর সম্বন্ধে ইতিপূর্বে বলেছি। অতএব বৈষ্ণবমতের সাধনে তিনি যে ঠাকুরকে উৎসাহ দেবেন, তাতে বিচিত্র কিছু নেই। দ্বিতীয়—বৈষ্ণবকুলসম্ভূত ঠাকুরের বৈষ্ণবভাবসাধনে অনুরাগ থাকা স্বাভাবিক। কামারপুকুর অঞ্চলে সেই সব সাধন বিশেষভাবে প্রচলিত থাকায় বাল্যকাল থেকেই সেগুলির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠার বিশেষ সুযোগ তাঁর ছিল। তৃতীয় এবং সবচেয়ে বিশিষ্ট কারণ—ঠাকুরের ভিতর আজীবন পুরুষ ও স্ত্রী, উভয় প্রকৃতিরই অদৃষ্টপূর্ব সম্মিলন দেখা যেত। সেই দুটির একটির প্রভাবে তিনি সিংহপ্রতিম নির্ভীক, বিক্রমশালী, সব বিষয়ের কারণান্বেষী, কঠোর পুরুষপ্রবর-রূপে প্রতিভাত হতেন, এবং অন্যটির প্রকাশে এমন দেখা যেত যে, তিনি ললনাজনসুলভ কোমল-কঠোর স্বভাব নিয়ে হৃদয় দিয়ে জগতের যাবতীয় বস্তু ও ব্যক্তিকে দেখছেন এবং পরিমাপ করছেন। এই শেষের প্রকৃতির বশে তাঁর মধ্যে কতকগুলি বিষয়ে তীব্র অনুরাগ আর অন্য কতকগুলিতে তেমনই বিরাগ স্বভাবতই দেখা দিত, এবং ভাবাবেশে তিনি অশেষ ক্লেশ হাসিমুখে বহন করতে পারলেও ভাববিহীন হয়ে সাধারণ মানুষের মতো কোনো কাজ করতে পারতেন না।
বাৎসল্য ও মধুরভাব–সাধনের আগে ঠাকুরের ভিতর স্ত্রীভাবের উদয়
সাধনকালের প্রথম চার বছরে ঠাকুর বৈষ্ণবতন্ত্রোক্ত শান্ত, দাস্য এবং কখনও কখনও শ্রীকৃষ্ণসখা সুদামাদি ব্রজবালকদের মতো সখ্যভাব অবলম্বন করে স্বয়ং সাধনে প্রবৃত্ত হয়ে সিদ্ধিলাভ করেছিলেন। শ্রীরামচন্দ্রগতপ্রাণ মহাবীরকে আদর্শরূপে গ্রহণ করে দাস্যভক্তি অবলম্বনে তাঁর কিছুকাল অবস্থান, এবং জনকনন্দিনী, জনমদুঃখিনী সীতার দর্শনলাভ প্রভৃতি কথা আগেই বলা হয়েছে। অতএব বৈষ্ণবতন্ত্রোক্ত বাৎসল্য ও মধুর-রসাশ্রিত দুটি মুখ্য ভাবের সাধনেই তিনি এখন মনোনিবেশ করলেন। দেখা যায়, এই সময়ে তিনি নিজেকে শ্রীশ্রীজগন্মাতার সখীরূপে ভাবনা করে চামর হাতে তাঁকে বীজন করছেন, শরৎকালের দেবীপূজার সময় মথুরের কলিকাতার বাড়িতে গিয়ে রমণীজনোচিত সাজে সজ্জিত ও কুলস্ত্রী-পরিবৃত হয়ে ৺দেবীর দর্শনাদি করছেন, এবং স্ত্রীভাবের প্রাবল্যে অনেক সময়ে নিজে যে পুরুষদেহধারী, এ কথা বিস্মৃত হচ্ছেন।[3] আমরা যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যেতে আরম্ভ করেছি, তখনও তাঁর মধ্যে সময়ে সময়ে প্রকৃতিভাবের উদয় হতে দেখেছি, কিন্তু তখন সেই ভাবের আবেশ এই সময়ের মতো দীর্ঘকাল ধরে চলত না। সেরকম হওয়ার আবশ্যকতাও ছিল না। কারণ, স্ত্রী-পুংপ্রকৃতিগত যাবতীয় ভাবে এবং সেগুলির অতীত অদ্বৈতভাবমুখে ইচ্ছামতো অবস্থান করা শ্রীশ্রীজগদম্বার কৃপায় তখন তাঁর পক্ষে সহজ হয়ে দাঁড়িয়েছিল, এবং সমীপাগত প্রত্যেক ব্যক্তির কল্যাণের জন্য সেই সব ভাবের যেটিতে যতক্ষণ ইচ্ছা তিনি অবস্থান করতেন।
ঠাকুরের মনের গঠন কেমন ছিল, তার আলোচনা
ঠাকুরের সাধনকালের মহিমা হৃদয়ঙ্গম করতে হলে পাঠককে কল্পনার সাহায্যে সবার আগে অনুধ্যান করে দেখতে হবে, তাঁর মন জন্ম থেকে কেমন অসাধারণ ধাতুতে গড়া ছিল, সেই মন কীভাবে সংসারে নিত্য বিচরণ করত, এবং আধ্যাত্মিক রাজ্যের প্রবল ঝড়ের মুখে পড়ে বিগত আট বছরে তাতে কেমন সব পরিবর্তন দেখা দিয়েছিল। আমরা তাঁর নিজের মুখে শুনেছি, ১২৬২ সালে দক্ষিণেশ্বর কালীবাড়িতে যখন তিনি প্রথম পদার্পণ করেন, তখন এবং তার পরেও কিছুকাল পর্যন্ত তিনি সরলভাবে বিশ্বাস করে এসেছিলেন যে, তাঁর পিতৃপিতামহেরা যেভাবে সৎপথে থেকে সংসারধর্ম পালন করে এসেছেন, তিনিও সেভাবেই করবেন। তাঁর আজন্ম অভিমানরহিত মনে এ কথা একবারও জাগেনি যে, তিনি সংসারের অন্য কারও চেয়ে কোনো অংশে বড় বা বিশেষ গুণসম্পন্ন। কিন্তু কার্যক্ষেত্রে অবতীর্ণ হওয়ার পর তাঁর অসাধারণ বিশেষত্ব প্রতি পদে প্রকাশ পেতে লাগল। এক অপূর্ব দৈবশক্তি যেন প্রতিক্ষণ তাঁর সঙ্গে থেকে সংসারের রূপরসাদি প্রত্যেক বিষয়ের অনিত্যত্ব ও অকিঞ্চিৎকরত্ব উজ্জ্বল বর্ণে চিত্রিত করে তাঁর চোখের সামনে ধরে তাঁকে সর্বদা বিপরীত পথে চালিত করতে লাগল। স্বার্থশূন্য, একমাত্র সত্যের অনুসন্ধিৎসু ঠাকুর সেই শক্তির ইঙ্গিতে চলতে ফিরতে শীঘ্রই নিজেকে অভ্যস্ত করে ফেললেন। এ কথা বোঝা যায় যে, পার্থিব ভোগ্যবস্তুগুলির কোনোটি লাভ করার ইচ্ছা তাঁর মনে প্রবল থাকলে সেই শক্তির ইঙ্গিতে চলা তাঁর পক্ষে সুকঠিন হত।
ঠাকুরের মনে সংস্কারবন্ধন কত অল্প ছিল
সব বিষয়ে ঠাকুরের আজীবন আচরণ স্মরণ করলেই আগে যে কথা বলা হল, তা পাঠকের হৃদয়ঙ্গম হবে। সংসারে প্রচলিত বিদ্যাশিক্ষার উদ্দেশ্য ‘চালকলা বাঁধা’ বা অর্থোপার্জন বুঝে তিনি লেখাপড়া শিখলেন না—সংসারযাত্রা-নির্বাহে সাহায্য হবে বলে পূজকের পদ গ্রহণ করে দেবোপাসনার অন্য উদ্দেশ্য বুঝলেন এবং ঈশ্বরলাভের জন্য উন্মত্ত হয়ে উঠলেন—সম্পূর্ণ সংযমেই ঈশ্বরলাভ হয়, এ কথা বুঝে বিবাহিত হলেও কখনও স্ত্রীগ্রহণ করলেন না—সঞ্চয়শীল ব্যক্তি ঈশ্বরে পূর্ণ নির্ভরশীল হয় না বুঝে কাঞ্চনাদি তো দূরের কথা, সামান্য জিনিসপত্র সঞ্চয়ের ভাবও মন থেকে একেবারে উপড়ে ফেললেন—এইরকম অনেক কথা ঠাকুরের সম্বন্ধে বলা যায়। এই সব কথা অনুধাবন করলে বোঝা যায়, সাধারণ জীবের মোহকর সংস্কারবন্ধনগুলি বাল্যকাল থেকে তাঁর মনে কত অল্প প্রভাব বিস্তার করেছিল। এতে এই স্পষ্ট প্রতীতিও হয়, তাঁর ধারণাশক্তি এত প্রবল ছিল যে, মনের পূর্বসংস্কারগুলি তাঁর সামনে মাথা তুলে কখনও তাঁকে লক্ষ্যভ্রষ্ট করতে পারত না।
সাধনায় প্রবৃত্ত হওয়ার আগে ঠাকুরের মন কেমন গুণসম্পন্ন ছিল
তা ছাড়া আমরা দেখেছি, বাল্যকাল থেকে ঠাকুর শ্রুতিধর ছিলেন। যা একবার শুনতেন, তা আনুপূর্বিক আবৃত্তি করতে পারতেন, এবং তাঁর স্মৃতি তা চিরকালের জন্য ধরে রাখত। ছেলেবেলায় রামায়ণাদি কথা, গান ও যাত্রা প্রভৃতি একবার শোনার পর সঙ্গীদের নিয়ে কামারপুকুরে গোঠে ব্রজে তিনি কীভাবে সেগুলির পুনরাবৃত্তি করতেন, তা পাঠকের জানা আছে। অতএব দেখা যাচ্ছে, অদৃষ্টপূর্ব সত্যানুরাগ, শ্রুতিধরত্ব ও সম্পূর্ণ ধারণা-রূপ দৈবী সম্পত্তি নিজস্ব করে নিয়ে ঠাকুর সাধকজীবনে প্রবেশ করেছিলেন। অনুরাগ, ধারণা প্রভৃতি যে গুণগুলি আয়ত্ত করা সাধারণ সাধকের পক্ষে জীবনপাত করে চেষ্টা করলেও সুসাধ্য হয় না, তিনি সেই গুণগুলিকে ভিত্তিরূপে অবলম্বন করে সাধনরাজ্যে অগ্রসর হয়েছিলেন। সুতরাং সাধনরাজ্যে অল্প সময়ের মধ্যে তিনি যে সমধিক ফল লাভ করেছিলেন, তাতে বিচিত্র কিছু নেই। সাধনকালে কঠিন সাধনগুলিতে তিনি তিন দিনে সিদ্ধিলাভ করেছিলেন, এ কথা তাঁর কাছে শুনে অনেক সময়ে আমরা যে বিস্ময়ে হতবুদ্ধি হয়েছি, তার কারণ, তাঁর অসামান্য মানসিক গঠনের কথা আমরা তখন বিন্দুমাত্র হৃদয়ঙ্গম করতে পারিনি।
ঠাকুরের অসাধারণ মানসিক গঠনের দৃষ্টান্ত ও আলোচনা
ঠাকুরের জীবনের কয়েকটি ঘটনা বললে পাঠক আমাদের আগের কথা বুঝতে পারবেন। সাধনকালের প্রথমে ঠাকুর নিত্যানিত্যবস্তু বিচার করে ‘টাকা মাটি—মাটি টাকা’ বলতে বলতে মাটিসুদ্ধ কয়েকটি টাকা গঙ্গাগর্ভে ছুড়ে ফেললেন—অমনি মানবমনের অন্তস্তল পর্যন্ত যে কাঞ্চনাসক্তি আপন অধিকার বিস্তার করে রয়েছে, তা সেগুলির সঙ্গেই চিরকালের জন্য তাঁর মন থেকে সমূলে উৎপাটিত হয়ে গঙ্গাগর্ভে বিসর্জিত হল। সাধারণ মানুষ যে জায়গায় গেলে স্নানাদি না করে নিজেদের শুচি জ্ঞান করে না, সেই জায়গা তিনি স্বহস্তে পরিষ্কার করলেন—অমনি তাঁর মন জন্মগত জাত্যভিমান ত্যাগ করে চিরকালের জন্য ধারণা করে রাখল, সমাজে অস্পৃশ্য জাতি বলে গণ্য লোকদের চেয়ে তিনি কোনো অংশে বড় নন! নিজেকে জগদম্বার সন্তান বলে ধারণা করে ঠাকুর যেই শুনলেন, তিনিই ‘স্ত্রিয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু’—অমনি আর কখনও স্ত্রীজাতির কাউকে ভোগলালসার চোখে দেখে দাম্পত্য সুখের দিকে এগোতে পারলেন না। এই সব বিষয় অনুধাবন করলে স্পষ্ট বোঝা যায়, অসামান্য ধারণাশক্তি না থাকলে তিনি এমন ফল কখনও লাভ করতে পারতেন না। তাঁর জীবনের এই সব কথা শুনে আমরা যে বিস্মিত হই অথবা সহজে বিশ্বাস করতে পারি না, তার কারণ—আমরা তখন নিজেদের অন্তরের দিকে দৃষ্টিপাত করে দেখতে পাই যে, এভাবে মাটিসুদ্ধ টাকা হাজার বার জলে বিসর্জন দিলেও আমাদের কাঞ্চনাসক্তি যাবে না—হাজার বার কদর্য জায়গা ধুলেও আমাদের মনের অভিমান ধুয়ে যাবে না, এবং জগজ্জননী রমণীরূপে প্রকাশিত হয়ে আছেন, এ কথা আজীবন শুনলেও কাজের সময় আমাদের রমণীমাত্রে মাতৃজ্ঞানের উদয় হবে না! আমাদের ধারণাশক্তি পূর্বকৃত কর্মসংস্কারে নিতান্ত নিগড়বদ্ধ হয়ে আছে বলে, চেষ্টা করেও আমরা এসব বিষয়ে ঠাকুরের মতো ফল লাভ করতে পারি না। সংযমরহিত, ধারণাশূন্য, পূর্বসংস্কারপ্রবল মন নিয়ে আমরা ঈশ্বরলাভ করতে সাধনরাজ্যে অগ্রসর হই—সুতরাং ফলও তাঁর মতো লাভ করতে পারি না।
ঠাকুরের মতো অপূর্ব শক্তিসম্পন্ন মন সংসারে চার-পাঁচশো বছরেও এক-আধটা আসে কি না সন্দেহ। সংযমপ্রবীণ, ধারণাকুশল, পূর্বসংস্কারনির্জীব সেই মন ঈশ্বরলাভের জন্য অদৃষ্টপূর্ব অনুরাগ-ব্যাকুলতায় তাড়িত হয়ে আট বছর ধরে আহারনিদ্রা ত্যাগ করে শ্রীশ্রীজগন্মাতার পূর্ণ দর্শন লাভের জন্য সচেষ্ট থেকে কতটা শক্তিসম্পন্ন হয়েছিল এবং সূক্ষ্মদৃষ্টির সাহায্যে কেমন সব প্রত্যক্ষ লাভ করেছিল, তা আমাদের মতো মনের কল্পনায় আনাও অসম্ভব।
ঠাকুরের অনুজ্ঞায় মথুরের সাধুসেবা
আমরা ইতিপূর্বে বলেছি, রানী রাসমণির মৃত্যুর পর দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীশ্রীজগদম্বার সেবার কিছুমাত্র ত্রুটি পরিলক্ষিত হত না। শ্রীরামকৃষ্ণগতপ্রাণ মথুরামোহন সেই সেবার জন্য নিয়মিত ব্যয় করতে কুণ্ঠিত হওয়া তো দূরের কথা, অনেক সময় ঠাকুরের নির্দেশে সে বাবদ তার চেয়েও বেশি ব্যয় করতেন। দেবদেবীসেবা ছাড়াও সাধুভক্তের সেবায় তাঁর বিশেষ প্রীতি ছিল। কারণ ঠাকুরের শ্রীপদাশ্রয়ী মথুর তাঁর শিক্ষায় সাধুভক্তদের ঈশ্বরের প্রতিরূপ বলে বিশ্বাস করতেন। সেজন্য দেখা যায়, ঠাকুর যখন এই সময়ে তাঁকে সাধুভক্তদের অন্নদান ছাড়াও শরীর রক্ষার উপযোগী কাপড়-কম্বল ও নিত্যব্যবহার্য কমণ্ডলু প্রভৃতি জলপাত্র দানের ব্যবস্থা করতে বলেন, তখন সে কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য তিনি সেই সব জিনিস কিনে কালীবাড়ির একটি ঘর ভরে রাখেন, এবং কর্মচারীদের এই কথা বলে দেন যে, সেই নতুন ভাণ্ডারের জিনিসগুলি ঠাকুরের আদেশমতো বিতরণ করা হবে। আবার তার কিছুকাল পরে সব সম্প্রদায়ের সাধুভক্তদের সাধনার অনুকূল জিনিসপত্র দান করে তাদের সেবা করার অভিপ্রায় ঠাকুরের মনে জাগলে মথুর সে কথা জানতে পেরে তারও বন্দোবস্ত করে দেন।[4] সম্ভবত সন ১২৬৯-৭০ সালেই মথুরামোহন ঠাকুরের অভিপ্রায় অনুসারে এভাবে সাধুসেবার বহুল অনুষ্ঠান করেছিলেন, এবং সেজন্য রানী রাসমণির কালীবাড়ির অদ্ভুত আতিথেয়তার কথা সাধুভক্তদের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। রানী রাসমণির জীবৎকাল থেকেই কালীবাড়ি তীর্থপর্যটনশীল সাধু-পরিব্রাজকদের কাছে পথের মধ্যে কয়েক দিন বিশ্রামের একটি জায়গা বলে গণ্য হয়ে এলেও এবার তার সুনাম চারদিকে আরও বেশি ছড়িয়ে পড়ল; সব সম্প্রদায়ের সাধকাগ্রণীরা সেখানে আসতেন এবং আতিথ্যগ্রহণে পরিতৃপ্ত হয়ে তার সেবাপরিচালককে আশীর্বাদ করে গন্তব্য পথে এগিয়ে যেতেন। এভাবে সমাগত বিশিষ্ট সাধুদের কথা আমরা ঠাকুরের শ্রীমুখে যতদূর শুনেছি, তা অন্যত্র লিপিবদ্ধ করেছি।[5] এখানে আবার তার উল্লেখ করছি এইজন্য যে—‘জটাধারী’ নামের যে রামাইত সাধুর কাছে ঠাকুর রামমন্ত্রে দীক্ষাগ্রহণ করেন ও ‘শ্রীশ্রীরামলালা’ নামের শ্রীরামচন্দ্রের বালবিগ্রহ পান, তাঁরই দক্ষিণেশ্বর কালীবাড়িতে আগমনের সময় পাঠককে জানাতে চাই। সম্ভবত ১২৭০ সালে তিনি ঠাকুরের কাছে এসেছিলেন।
জটাধারীর আগমন
শ্রীরামচন্দ্রের প্রতি জটাধারীর অদ্ভুত অনুরাগ ও ভালোবাসার কথা আমরা ঠাকুরের শ্রীমুখে অনেক বার শুনেছি। বালক রামচন্দ্রের মূর্তিই তাঁর সমধিক প্রিয় ছিল। বহুকাল ধরে সেই মূর্তির সেবায় তাঁর মন ভাবরাজ্যে আরূঢ় হয়ে এতদূর অন্তর্মুখী ও তন্ময় অবস্থা লাভ করেছিল যে, দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসার আগেই তিনি দেখতে পেতেন, শ্রীরামচন্দ্রের জ্যোতির্ঘন বালবিগ্রহ সত্যি সত্যিই তাঁর সামনে আবির্ভূত হয়ে তাঁর ভক্তিপূত সেবা গ্রহণ করছেন। প্রথমে এমন দর্শন মধ্যে মধ্যে ক্ষণকালের জন্য হত এবং তাঁকে আনন্দে বিহ্বল করত। কালক্রমে সাধনায় তিনি যত অগ্রসর হয়েছিলেন, সেই দর্শনও তত ঘনীভূত ও দীর্ঘস্থায়ী হয়ে ক্রমে নিত্য-পরিদৃষ্ট বিষয়গুলির মতো হয়ে দাঁড়িয়েছিল। এভাবে বাল-শ্রীরামচন্দ্রকে তিনি একপ্রকার নিত্যসহচররূপে লাভ করেছিলেন। তারপর যা অবলম্বন করে এমন পরম সৌভাগ্য তাঁর জীবনে এসেছিল, সেই রামলালা-বিগ্রহের সেবায় নিজেকে নিত্য নিযুক্ত রেখে জটাধারী ভারতের নানা তীর্থ যদৃচ্ছাক্রমে পর্যটন করে এই সময়ে দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন।
জটাধারীর সঙ্গে ঠাকুরের ঘনিষ্ঠ সম্বন্ধ
রামলালা-সেবায় নিযুক্ত জটাধারী যে বাল-রামচন্দ্রের ভাবঘন মূর্তির সদাসর্বদা দর্শন পান, এ কথা তিনি কারও কাছে প্রকাশ করেননি। লোকে দেখত, তিনি একটি ধাতুর বালবিগ্রহের সেবা অপূর্ব নিষ্ঠার সঙ্গে সর্বক্ষণ করে চলেছেন, এই পর্যন্ত। ভাবরাজ্যের অদ্বিতীয় অধীশ্বর ঠাকুরের দৃষ্টি কিন্তু তাঁর সঙ্গে প্রথম সাক্ষাতের স্থূল যবনিকার অন্তরাল ভেদ করে অন্তরের গূঢ় রহস্য অবধারণ করেছিল। সেজন্য প্রথম দর্শনেই তিনি জটাধারীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছিলেন, এবং প্রয়োজনীয় জিনিসগুলি সাহ্লাদে দিয়ে প্রতিদিন তাঁর কাছে বহুক্ষণ কাটিয়ে তাঁর সেবা ভক্তিভরে নিরীক্ষণ করতেন। জটাধারী শ্রীরামচন্দ্রের যে ভাবঘন দিব্যমূর্তির দর্শন সর্বক্ষণ পেতেন, সেই মূর্তির দর্শন পেয়েছিলেন বলেই যে ঠাকুর তখন এমন করেছিলেন, এ কথা আমরা অন্যত্র বলেছি।[6] এভাবে জটাধারীর সঙ্গে ঠাকুরের সম্বন্ধ ক্রমে বিশেষ শ্রদ্ধাপূর্ণ ও ঘনিষ্ঠ হয়ে উঠেছিল।
স্ত্রীভাবের উদয়ে ঠাকুরের বাৎসল্যভাবসাধনে প্রবৃত্ত হওয়া
আমরা ইতিপূর্বে বলেছি, ঠাকুর এই সময়ে নিজেকে রমণী-জ্ঞানে তন্ময় হয়ে অনেক কাল ছিলেন। প্রবল হৃদয়-প্রেরণায় শ্রীশ্রীজগদম্বার নিত্যসঙ্গিনী জ্ঞানে অনেক সময় স্ত্রীবেশ ধারণ করে থাকা, পুষ্পহারাদি গেঁথে তাঁর বেশভূষা করে দেওয়া, গরম দূর করার জন্য বহুক্ষণ ধরে তাঁকে চামর-ব্যজন করা, মথুরকে বলে নতুন নতুন অলংকার গড়িয়ে তাঁকে পরিয়ে দেওয়া, এবং তাঁর পরিতৃপ্তির জন্য তাঁকে নৃত্যগীতাদি শোনানো প্রভৃতি কাজে তিনি এই সময়ে অনেক কাল কাটাচ্ছিলেন। জটাধারীর সঙ্গে আলাপে শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তিপ্রীতি নতুন করে উদ্দীপিত হওয়ায় তিনি এখন তাঁর ভাবঘন শৈশবাবস্থার মূর্তির দর্শন পেলেন, এবং প্রকৃতিভাবের প্রাবল্যে তাঁর হৃদয় বাৎসল্যরসে পূর্ণ হল। মা শিশুপুত্রকে দেখে যে অপূর্ব প্রীতি ও প্রেমাকর্ষণ অনুভব করেন, তিনি এখন সেই শিশুমূর্তির প্রতি তেমনই আকর্ষণ অনুভব করতে লাগলেন। সেই প্রেমাকর্ষণই এখন তাঁকে জটাধারীর বালবিগ্রহের পাশে বসিয়ে রেখে কীভাবে কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে, তা জানতে দিত না। তাঁর নিজের মুখে শুনেছি, সেই উজ্জ্বল দেবশিশু মধুময় বালসুলভ আচরণে ভুলিয়ে তাঁকে সর্বক্ষণ নিজের কাছে ধরে রাখতে নিত্য চেষ্টা করত, তাঁকে না দেখলে ব্যাকুল হয়ে পথ চেয়ে থাকত, এবং নিষেধ না শুনে তাঁর সঙ্গে যেখানে-সেখানে যেতে উদ্যত হত!
কোনো ভাবের উদয় হলে তার চরম উপলব্ধি করার জন্য তাঁর চেষ্টা—এমন করা কর্তব্য কি–না
ঠাকুরের উদ্যমশীল মন কখনও কোনো কাজ অর্ধেক নিষ্পন্ন করে ক্ষান্ত থাকতে পারত না। স্থূল কর্মক্ষেত্রে তাঁর এই যে স্বভাব প্রকাশ পেত, সূক্ষ্ম ভাবরাজ্যের বিষয়গুলিতেও তা লক্ষ করা যেত। দেখা যেত, স্বাভাবিক প্রেরণায় কোনো বিশেষ ভাব তাঁর হৃদয় পূর্ণ করলে তিনি তার চরম সীমা পর্যন্ত উপলব্ধি না করে নিশ্চিন্ত হতে পারতেন না। তাঁর এই স্বভাবের কথা আলোচনা করে কোনো কোনো পাঠক হয়তো ভেবে বসবেন—‘কিন্তু তা কি ভালো? যখন যে ভাব অন্তরে উদয় হবে, তখনই তার হাতে খেলার পুতুল হয়ে তার পিছনে ছুটলে মানুষের কখনও কি কল্যাণ হতে পারে? দুর্বল মানুষের অন্তরে সু ও কু সবরকম ভাবই যখন অনুক্ষণ উদয় হচ্ছে, তখন ঠাকুরের এমন স্বভাব তাঁকে কখনও বিপথগামী না করলেও, সাধারণের অনুকরণীয় হতে পারে না। কেবলমাত্র সুভাবগুলিই অন্তরে উদিত হবে, নিজের প্রতি এতটা বিশ্বাস রাখা মানুষের কখনই কর্তব্য নয়। অতএব সংযম-রূপ লাগাম দিয়ে ভাব-রূপ ঘোড়াগুলিকে সর্বদা বশে রাখাই মানুষের লক্ষ্য হওয়া কর্তব্য।’
ঠাকুরের মতো নির্ভরশীল সাধকের ভাবসংযমের আবশ্যকতা নেই—তার কারণ
যে কথা আগে বলা হল, তা যুক্তিযুক্ত বলে স্বীকার করলেও, উত্তরে আমাদের কিছু বক্তব্য আছে। কামকাঞ্চন-নিবদ্ধ-দৃষ্টি, ভোগলোলুপ মানবমনের নিজের প্রতি অতটা বিশ্বাস রাখা কখনও কর্তব্য নয়—এ কথা অস্বীকার করার উপায় নেই। অতএব সাধারণ মানুষের যে ভাবসংযম আবশ্যক, সে বিষয়ে কোনো সন্দেহ উত্থাপন করা নিতান্ত অদূরদর্শী ব্যক্তির পক্ষেই সম্ভবপর। কিন্তু বেদাদি শাস্ত্রে আছে, ঈশ্বর-কৃপায় কোনো কোনো বিরল সাধকের কাছে সংযম নিঃশ্বাস-প্রশ্বাসের মতো সহজ ও স্বাভাবিক হয়ে দাঁড়ায়। তাঁদের মন তখন কাম-কাঞ্চনের আকর্ষণ থেকে একেবারে মুক্তিলাভ করে কেবলমাত্র সুভাবগুলির নিবাসভূমিতে পরিণত হয়। ঠাকুর বলতেন—শ্রীশ্রীজগদম্বার প্রতি সম্পূর্ণ নির্ভরশীল এমন মানুষের মনে তখন তাঁর কৃপায় কোনো কুভাব মাথা তুলে প্রভুত্ব স্থাপন করতে পারে না; ‘মা (শ্রীশ্রীজগদম্বা) তার পা কখনও বেতালে পড়তে দেন না।’ সেই অবস্থায় উপনীত মানুষ তখন অন্তরের প্রত্যেক মনোভাবকে বিশ্বাস করলে তাতে কিছুমাত্র অনিষ্ট হওয়া তো দূরের কথা, অপরের বিশেষ কল্যাণই হয়। কারণ দেহাভিমানযুক্ত যে ক্ষুদ্র আমিত্বের প্রেরণায় আমরা স্বার্থপর হয়ে জগতের সমগ্র ভোগসুখের অধিকার লাভ করাকেও পর্যাপ্ত বলে মনে করি না, অন্তরের সেই ক্ষুদ্র আমিত্ব ঈশ্বরের বিরাট আমিত্বে চিরকালের মতো বিসর্জিত হওয়ায় এমন মানুষের পক্ষে স্বার্থসুখের অন্বেষণ তখন একেবারে অসম্ভব হয়ে ওঠে। সুতরাং বিরাট ঈশ্বরের সর্বকল্যাণকরী ইচ্ছাই তখন সেই মানুষের অন্তরে অপরের কল্যাণসাধনের জন্য বিবিধ মনোভাবরূপে সমুদিত হয়। অথবা এই অবস্থার সাধক তখন ‘আমি যন্ত্র, তুমি যন্ত্রী’ এ কথা প্রাণে প্রাণে অনুক্ষণ প্রত্যক্ষ করেন, এবং নিজের মনোগত ভাবগুলিকে বিরাট পুরুষ ঈশ্বরেরই অভিপ্রায় বলে স্থিরনিশ্চয় করে সেগুলির প্রেরণায় কাজ করতে কিছুমাত্র সংকুচিত হন না। ফলেও দেখা যায়, তাঁদের এই অনুষ্ঠানে অপরের মহৎ কল্যাণ হয়। ঠাকুরের মতো অলোকসামান্য মহাপুরুষদের এই অবস্থা জীবনের অতি প্রভাতেই এসে উপস্থিত হয়। সেইজন্য তেমন পুরুষদের জীবনেতিহাসে আমরা দেখতে পাই, তাঁরা কিছুমাত্র যুক্তিতর্ক না করে নিজ নিজ মনোগত ভাবগুলিকে পূর্ণভাবে বিশ্বাস করে অনেক সময় কাজে অগ্রসর হচ্ছেন।
এমন সাধক নিজের শরীরত্যাগের কথা জানতে পেরেও উদ্বিগ্ন হন না—তার দৃষ্টান্ত
বিরাট ইচ্ছাশক্তির সঙ্গে নিজের ক্ষুদ্র ইচ্ছাকে সর্বদা অভিন্ন রেখে তাঁরা তখন সাধারণ মানুষের মনবুদ্ধির অগোচর বিষয়গুলি সর্বদা ধরতে বুঝতে পারেন। কারণ, বিরাট মনে সূক্ষ্ম ভাবের আকারে সেই সব বিষয় আগে থেকেই প্রকাশিত থাকে। আবার বিরাটেচ্ছার সর্বদা সম্পূর্ণ অনুগত থাকায় তাঁরা এতটা স্বার্থশূন্য ও ভয়শূন্য হন যে, কীভাবে, কার দ্বারা তাঁদের ক্ষুদ্র শরীর-মন ধ্বংস হবে, তা পর্যন্ত আগে থেকে জানতে পেরেও সেই বস্তু, ব্যক্তি ও বিষয়গুলির প্রতি কিছুমাত্র বিরাগ বোধ না করে পরম প্রীতির সঙ্গে সেই কাজ সম্পন্ন করতে তাদের যথাসাধ্য সাহায্য করেন। এখানে কয়েকটি দৃষ্টান্ত দিলেই আমাদের কথা পাঠকের হৃদয়ঙ্গম হবে। দেখো—শ্রীরামচন্দ্র জনক-তনয়া সীতাকে নিষ্পাপ জেনেও ভবিতব্য বুঝে তাঁকে বনে বিসর্জন দিলেন। আবার প্রাণের চেয়ে প্রিয় অনুজ লক্ষ্মণকে বর্জন করলে নিজের লীলাসংবরণ অবশ্যম্ভাবী, এ কথা বুঝেও তাঁকে বর্জন করলেন। শ্রীকৃষ্ণ ‘যদুবংশ ধ্বংস হবে’ আগে থেকে জানতে পেরেও তা প্রতিরোধ করতে বিন্দুমাত্র চেষ্টা না করে, যাতে সেই ঘটনা যথাকালে ঘটে, তা-ই করলেন। আবার ব্যাধের হাতে নিজের নিধন হবে জেনেও, সেই কাল উপস্থিত হলে বৃক্ষপত্রান্তরালে সর্বশরীর লুকিয়ে নিজের আরক্তিম চরণযুগল এমনভাবে রেখে দিলেন যে, ব্যাধ তা দেখামাত্র পাখি ভেবে শাণিত শর ছুড়ল। তখন নিজের ভুলের জন্য অনুতপ্ত ব্যাধকে আশীর্বাদ ও সান্ত্বনা দিয়ে তিনি যোগ অবলম্বন করে শরীররক্ষা করলেন।
মহামহিম বুদ্ধ চণ্ডালের আতিথ্য গ্রহণ করলে যে তাঁর পরিনির্বাণপ্রাপ্তি হবে, এ কথা আগে থেকে জানতে পেরেও সেই আতিথ্য স্বীকার করে নিলেন, এবং আশীর্বাদ ও সান্ত্বনা দিয়ে তাকে অপরের ঘৃণা ও নিন্দাবাদের হাত থেকে রক্ষা করে সেই পরিনির্বাণপদে আরূঢ় হলেন! আবার স্ত্রীজাতিকে সন্ন্যাসগ্রহণের অনুমতি দিলে তাঁর প্রচারিত ধর্ম শীঘ্র কলুষিত হবে, এ কথা জানতে পেরেও মাতৃষ্বসা আর্যা গৌতমীকে প্রব্রজ্যাগ্রহণের আদেশ দিলেন।
ঈশ্বরাবতার ঈশা ‘তাঁর শিষ্য যুদা তাঁকে অর্থলোভে শত্রুর হাতে সমর্পণ করবে এবং তাতেই তাঁর শরীর ধ্বংস হবে’ এ কথা জানতে পেরেও তার প্রতি আগের মতোই স্নেহ দেখিয়ে আজীবন তার কল্যাণের চেষ্টায় নিজেকে নিযুক্ত রাখলেন।
এই অবস্থার সাধকের মনে স্বার্থদুষ্ট বাসনার উদয় হয় না
অবতারপুরুষদের তো কথাই নেই, সিদ্ধ জীবন্মুক্ত পুরুষদের জীবন আলোচনা করেও আমরা এইরকম অনেক ঘটনা অনুসন্ধানে পাই। অবতারপুরুষদের জীবনে এক দিক দিয়ে অসাধারণ উদ্যমশীলতা আর অন্য দিকে বিরাটেচ্ছায় সম্পূর্ণ নির্ভরতা—এ দুয়ের সামঞ্জস্য করতে হলে এই সিদ্ধান্তই করতে হয় যে, বিরাটেচ্ছার অনুমোদনেই তাঁদের মধ্য দিয়ে উদ্যমের প্রকাশ হয়, নইলে নয়। অতএব দেখা যাচ্ছে, ঈশ্বরেচ্ছার সম্পূর্ণ অনুগামী পুরুষদের অন্তরের স্বার্থসংস্কারগুলি একেবারে বিনষ্ট হয়ে যায়, এবং মন এমন এক পবিত্র ভূমিতে উপনীত হয়, যেখানে শুদ্ধ ভাবেরই উদয় হয়, স্বার্থদুষ্ট ভাবের কখনও উদয় হয় না। আর সেই অবস্থার সাধকেরা নিশ্চিন্তমনে আপন মনোভাবগুলিতে বিশ্বাস রেখে সেগুলির প্রেরণায় কর্মানুষ্ঠান করে দোষভাগী হন না। ঠাকুরের এমন সব অনুষ্ঠান সাধারণ মানুষের পক্ষে অনুকরণীয় না হলেও, ওই অসাধারণ অবস্থায় উপনীত সাধককে নিজের জীবন পরিচালনায় বিশেষ আলো দেবে, সন্দেহ নেই। এই অবস্থার পুরুষদের আহারবিহারাদি সামান্য স্বার্থবাসনাকে শাস্ত্র ভাজা বীজের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ বৃক্ষলতাদির বীজ উত্তাপে দগ্ধ হলে তাদের জীবনীশক্তি অন্তর্হিত হয় বলে যেমন সেগুলি থেকে সমজাতীয় বৃক্ষলতাদি উৎপন্ন হতে পারে না, তেমনই সেই পুরুষদের সংসারবাসনা সংযম ও জ্ঞানাগ্নিতে দগ্ধ হওয়ায় তাঁদের আর কখনও ভোগতৃষ্ণায় আকৃষ্ট করে বিপথগামী করতে পারে না। ঠাকুর এ কথা আমাদের বোঝানোর জন্য বলতেন, স্পর্শমণির ছোঁয়া পেয়ে লোহার তরবারি স্বর্ণময় হয়ে গেলে তার হিংসাক্ষম আকারটুকুই থেকে যায়, তা দিয়ে আর হিংসার কাজ করা চলে না।
এই অবস্থার সাধক সত্যসংকল্প হন—ঠাকুরের জীবনে সে বিষয়ের দৃষ্টান্তগুলি
উপনিষদকার ঋষিরা বলেছেন, এমন অবস্থায় উপনীত সাধকেরা সত্যসংকল্প হন। অর্থাৎ তাঁদের অন্তরে উদিত সংকল্পগুলি সত্যই হয়, মিথ্যা কখনও হয় না। ভাবমুখে অবস্থিত ঠাকুরের মনে উদিত ভাবগুলিকে বারংবার পরীক্ষা করে সত্য বলে না দেখতে পেলে, আমরা ঋষিদের সেই কথায় কখনও বিশ্বাস করতে পারতাম না। আমরা দেখেছি, কোনো আহার্য গ্রহণ করতে গিয়ে ঠাকুরের মন সংকুচিত হলে অনুসন্ধান করে জানা গেছে, তা আগে বাস্তবিকই দোষদুষ্ট হয়েছিল—কোনো ব্যক্তিকে ঈশ্বরীয় কথা বলতে গিয়ে তাঁর মুখ বন্ধ হয়ে গেলে প্রমাণিত হয়েছে, বাস্তবিকই সেই ব্যক্তি সে বিষয়ে সম্পূর্ণ অনধিকারী—কোনো ব্যক্তির ইহজীবনে ধর্মলাভ হবে না, অথবা অতি অল্পমাত্র ধর্মলাভ হবে বলে তাঁর উপলব্ধি হলে, বাস্তবিকই তা-ই ঘটেছে—কাউকে দেখে তাঁর মনে বিশেষ কোনো ভাব বা দেবদেবীর কথা উদিত হলে, সেই ব্যক্তি সেই ভাবের বা সেই দেবীর অনুগত সাধক বলে জানা গেছে—অন্তরের ভাব-প্রেরণায় সহসা কাউকে তিনি কোনো কথা বললে সেই কথার বিশেষ আলো পেয়ে তার জীবন একেবারে বদলে গেছে। এমন কত কথাই না তাঁর সম্বন্ধে বলা যায়।
জটাধারীর কাছে ঠাকুরের দীক্ষাগ্রহণ, বাৎসল্যভাব–সাধন ও সিদ্ধি
আমরা বলেছি, জটাধারীর আগমনের সময় ঠাকুর অন্তরের ভাব-প্রেরণায় অনেক সময় নিজেকে ললনাজনোচিত দেহ-মন-সম্পন্ন বলে ধারণা করে তার অনুরূপ কাজ করতেন, এবং শ্রীরামচন্দ্রের মধুময় বাল্যরূপের দর্শন পেয়ে তাঁর প্রতি বাৎসল্যভাবাপন্ন হয়েছিলেন। কুলদেবতা ৺রঘুবীরের পূজা ও সেবাদি যথারীতি সম্পন্ন করার জন্য তিনি অনেক আগে রামমন্ত্রে দীক্ষিত হলেও তাঁর প্রতি প্রভুরূপে ছাড়া অন্য কোনো ভাবে তিনি আকৃষ্ট হননি। এই সময়ে সেই দেবতার প্রতি এই নবীন ভাব উপলব্ধি করায় তিনি এবার গুরুমুখে যথাশাস্ত্র সেই ভাবসাধনের উপযোগী মন্ত্র গ্রহণ করে তার চরমোপলব্ধি প্রত্যক্ষ করার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। গোপালমন্ত্রে সিদ্ধকাম জটাধারী তাঁর এই আগ্রহের কথা জানতে পেরে তাঁকে সাহ্লাদে নিজের ইষ্টমন্ত্রে দীক্ষিত করলেন, এবং ঠাকুর সেই মন্ত্রের সাহায্যে তাঁর দেখানো পথে সাধনায় নিমগ্ন হয়ে কয়েক দিনের মধ্যেই শ্রীরামচন্দ্রের বালগোপালমূর্তির অনুক্ষণ দিব্যদর্শন লাভ করতে পারলেন। বাৎসল্যভাবের সাহায্যে সেই দিব্যমূর্তির অনুধ্যানে তন্ময় হয়ে তিনি অচিরে প্রত্যক্ষ করলেন –
‘যো রাম দশরথকা বেটা,
ওহি রাম ঘট-ঘটমে লেটা!
ওহি রাম জগৎ পসেরা,
ওহি রাম সব্সে নেয়ারা।’
অর্থাৎ শ্রীরামচন্দ্র কেবলমাত্র দশরথের পুত্র নন, প্রতি শরীর আশ্রয় করে জীবভাবেও প্রকাশিত হয়ে রয়েছেন। আবার এভাবে অন্তরে প্রবেশ করে জগদ্রূপে নিত্য প্রকাশিত হয়ে থাকলেও তিনি জগতের যাবতীয় পদার্থ থেকে পৃথক, মায়ারহিত, নির্গুণ স্বরূপে নিত্য বিদ্যমান রয়েছেন। উপরে উদ্ধৃত হিন্দি দোঁহাটি আমরা ঠাকুরকে অনেক সময়ে আবৃত্তি করতে শুনেছি।
ঠাকুরকে জটাধারীর ‘রামলালা’-বিগ্রহ দান
শ্রীগোপালমন্ত্রে দীক্ষা দেওয়া ছাড়াও জটাধারী ‘রামলালা’ নামের যে বালগোপালবিগ্রহের এতকাল ধরে নিষ্ঠার সঙ্গে সেবা করে আসছিলেন, তা ঠাকুরকে দিয়ে গিয়েছিলেন। কারণ, সেই জীবন্ত বিগ্রহ জটাধারীর কাছে নিজের অভিপ্রায় প্রকাশ করেছিলেন যে, এখন থেকে তিনি ঠাকুরের কাছে থাকবেন। জটাধারী ও ঠাকুরকে নিয়ে সেই বিগ্রহের অপূর্ব লীলাবিলাসের কথা আমরা অন্যত্র সবিস্তারে উল্লেখ করেছি,[7]এজন্য সে প্রসঙ্গ এখানে আবার উত্থাপন করা নিষ্প্রয়োজন।
বৈষ্ণবমত–সাধনকালে ঠাকুর ভৈরবী ব্রাহ্মণীর কতটা সহায়তা পেয়েছিলেন
বাৎসল্যভাবের পরিপুষ্টি ও চরমোৎকর্ষ লাভের জন্য ঠাকুর যখন ওইভাবে সাধনায় মনোনিবেশ করেন, তখন যোগেশ্বরী নামের ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে তাঁর কাছে ছিলেন, এ কথা আমরা ইতিপূর্বে পাঠককে বলেছি। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, বৈষ্ণবতন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত সাধনে ব্রাহ্মণীও বিশেষ অভিজ্ঞ ছিলেন। বাৎসল্য ও মধুরভাব-সাধনকালে ঠাকুর তাঁর কাছ থেকে বিশেষ কোনো সাহায্য পেয়েছিলেন কি না, তা নিয়ে কোনো কথা আমরা ঠাকুরের মুখে স্পষ্ট শুনিনি। তবে বাৎসল্যভাবে আরূঢ় হয়ে ব্রাহ্মণী অনেক সময় ঠাকুরকে গোপালরূপে দর্শন করে সেবা করতেন, এ কথা ঠাকুরের শ্রীমুখে ও হৃদয়ের কাছে শুনে অনুমান করা যায় যে, শ্রীকৃষ্ণের বালগোপালমূর্তিতে বাৎসল্যভাব আরোপ করে তার চরমোপলব্ধি করার সময়ে এবং মধুরভাব-সাধনকালে ঠাকুর তাঁর কাছ থেকে কিছু না কিছু সাহায্য পেয়েছিলেন। বিশেষ কোনোরকম সাহায্য যদি না-ও পেয়ে থাকেন, ব্রাহ্মণীকে ওইসব সাধনে নিরত দেখে এবং তাঁর মুখে সেগুলির প্রশংসা শুনে ঠাকুরের মনে সেই সব ভাবসাধনের ইচ্ছা যে প্রবল হয়ে উঠেছিল, এ কথা অন্তত স্বীকার করা যায়।
[1] গুরুভাব – উত্তরার্ধ, ২য় অধ্যায়।
[2] এটি তাঁর দ্বিতীয় বারের বৈষ্ণবমত–সাধনা, এবং তা ছিল গুরূপদিষ্ট প্রণালী অবলম্বনে। এর আগে তিনি ঐকান্তিক হৃদয়-প্রেরণায় দাস্যভক্তির সাধন করে সিদ্ধকাম হয়েছিলেন। – প্রঃ
[3] গুরুভাব – পূর্বার্ধ, ৭ম অধ্যায়।
[4] গুরুভাব – উত্তরার্ধ, ২য় অধ্যায়।
[5] গুরুভাব – উত্তরার্ধ, ২য় অধ্যায়।
[6] গুরুভাব – উত্তরার্ধ, ২য় অধ্যায়।
[7] গুরুভাব – উত্তরার্ধ, ২য় অধ্যায়।
সাধকের কঠোর অন্তঃসংগ্রাম এবং লক্ষ্য
সাধক না হলে সাধকজীবনের ইতিহাস বোঝা সুকঠিন। কারণ সাধনা সূক্ষ্ম ভাবরাজ্যের কথা। সেখানে রূপরসাদি বিষয়সমূহের মোহনীয় স্থূল মূর্তিগুলি নয়নগোচর হয় না, বাহ্যবস্তু ও ব্যক্তিদের অবলম্বনে ঘটনাবলির বিচিত্র সমাবেশপারম্পর্য দেখা যায় না, অথবা রাগদ্বেষাদি দ্বন্দ্বসমাকুল মানবমন প্রবৃত্তির প্রেরণায় অস্থির হয়ে ভোগসুখ করায়ত্ত করার জন্য অপরকে পিছনে ফেলতে যেরকম উদ্যম প্রয়োগ করে এবং বিষয়বিমুগ্ধ সংসার যাকে বীরত্ব ও মহত্ত্ব বলে ঘোষণা করে—সেরকম উন্মাদ উদ্যমাদির কিছুমাত্র প্রকাশ নেই। সেখানে আছে কেবল সাধকের নিজের অন্তর ও তার ভিতরের জন্মজন্মান্তরাগত অনন্ত সংস্কারপ্রবাহ। আছে কেবল বাহ্যবস্তু বা কোনো বিশেষ শক্তির সংঘর্ষে এসে সাধকের উচ্চভাব ও লক্ষ্যের প্রতি আকৃষ্ট হওয়া, এবং সেই ভাবটিতে মনের একতানতা আনার ও সেই লক্ষ্যের অভিমুখে অগ্রসর হওয়ার জন্য নিজের প্রতিকূল সংস্কারগুলির সঙ্গে সংকল্প নিয়ে অনন্ত সংগ্রাম। আছে কেবল বাহ্যবিষয়গুলি থেকে সাধকমনের ক্রমে একেবারে বিমুখ হয়ে নিজের অভ্যন্তরে প্রবেশ করে নিজের মধ্যে নিজেই ডুবে যাওয়া, অন্তররাজ্যের গভীর থেকে গভীরতর প্রদেশে অবতীর্ণ হয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবান্তরগুলির উপলব্ধি করা, এবং পরিশেষে নিজের অস্তিত্বের গভীরতম প্রদেশে পৌঁছে, যা অবলম্বন করে সর্বভাবের ও অহংজ্ঞানের উৎপত্তি হয়েছে এবং যার আশ্রয়ে সেগুলি নিত্য অবস্থান করছে, সেই ‘অশব্দমস্পর্শমরূপমব্যয়মেকমেবাদ্বিতীয়ম্’ বস্তুর উপলব্ধি ও তাঁর সঙ্গে একীভূত হয়ে অবস্থিতি। পরে, যতদিন না সংস্কারগুলি একেবারে পরিক্ষীণ হয়ে মনের সংকল্পবিকল্পাত্মক ধর্ম চিরকালের মতো নাশ হয়, ততদিন পর্যন্ত, যে পথ অবলম্বন করে সাধক-মন সেই অদ্বয় বস্তুর উপলব্ধিতে পৌঁছেছিল, বিলোমভাবে সেই পথ দিয়ে সমাধি অবস্থা থেকে পুনরায় বহির্জগতের উপলব্ধিতে মনের ফিরে আসা। এভাবে সমাধি থেকে বাহ্য জগতের উপলব্ধিতে এবং সেখান থেকে সমাধি-অবস্থায় সাধক-মনের গতাগতি পুনঃপুনঃ হতে থাকে।
অসাধারণ সাধকদের নির্বিকল্প সমাধিতে অবস্থানের স্বতঃপ্রবৃত্তি—শ্রীরামকৃষ্ণদেব এই শ্রেণির সাধক
জগতের আধ্যাত্মিক ইতিহাস আবার সৃষ্টির প্রাচীনতম যুগ থেকে আজ পর্যন্ত এমন কয়েকটি সাধক-মনের কথা লিপিবদ্ধ করেছে, যাঁদের সেই সমাধি অবস্থাই যেন স্বাভাবিক অবস্থানভূমি—সাধারণ মানুষের কল্যাণের জন্য কোনোরকমে জোর করে তাঁরা কিছুকালের জন্য নিজেদের সংসারে, বাহ্যজগৎ উপলব্ধি করার ভূমিতে আবদ্ধ করে রেখেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের সাধনেতিহাস আমরা যত অবগত হব, ততই বুঝব, তাঁর মন ছিল সেই শ্রেণির। তাঁর লীলাপ্রসঙ্গ-আলোচনায় যদি আমাদের এই ধারণা না জন্মায়, তবে বুঝতে হবে, সেজন্য লেখকের ত্রুটিই দায়ী। কারণ তিনি আমাদের বারংবার বলে গেছেন, “ছোট ছোট এক-আধটা বাসনা জোর করে রেখে তাই ধরে মনটাকে তোদের জন্য নিচে নামিয়ে রাখি! নইলে ওর স্বাভাবিক প্রবৃত্তি অখণ্ডে মিলিত ও একীভূত হয়ে থাকার দিকে।”
‘শূন্য’ এবং ‘পূর্ণ’ বলে নির্দিষ্ট বস্তু এক পদার্থ
সমাধিকালে উপলব্ধ অখণ্ড অদ্বয় বস্তুকে প্রাচীন ঋষিদের কেউ কেউ সর্বভাবের অভাব বা ‘শূন্য’ বলে, আবার কেউ কেউ সর্বভাবের সম্মিলনভূমি ‘পূর্ণ’ বলে অভিহিত করে গেছেন। বস্তুত কিন্তু সকলে এক কথাই বলেছেন। কারণ সকলেই তাকে সর্বভাবের উৎপত্তি এবং লয়ভূমি বলে নির্দেশ করেছেন। ভগবান বুদ্ধ যাকে সর্বভাবের নির্বাণভূমি শূন্যবস্তু বলে নির্দেশ করেছেন, ভগবান শঙ্কর তাকেই সর্বভাবের মিলনভূমি পূর্ণবস্তু বলে শিক্ষা দিয়েছেন। পরবর্তী বৌদ্ধাচার্যদের মতামত ছেড়ে দিয়ে উভয়ের কথা আলোচনা করলে এ কথাই প্রতিপন্ন হয়।
অদ্বৈত ভাবের স্বরূপ
শূন্য বা পূর্ণ বলে উপলক্ষিত অদ্বৈতভাবভূমিই উপনিষদ ও বেদান্তে ভাবাতীত অবস্থা বলে নির্দিষ্ট হয়েছে। কারণ তাতে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হলে সাধকের মন সগুণব্রহ্ম বা ঈশ্বরের সৃজন, পালন ও নিধনাদি লীলাপ্রসূত সমগ্র ভাবভূমির সীমা অতিক্রম করে সমরস-মগ্ন হয়ে যায়। অতএব দেখা যাচ্ছে, সসীম মানবমন আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করে শান্তদাস্যাদি যে পঞ্চভাবের অবলম্বনে ঈশ্বরের সঙ্গে নিত্য সম্বদ্ধ হয়, সেগুলি থেকে অদ্বৈতভাব একটি পৃথক অপার্থিব বস্তু। পৃথিবীর মানুষ ইহ-পরকালে প্রাপ্ত সকল প্রকার ভোগসুখে একেবারে উদাসীন হয়ে পবিত্রতাবলে দেবতাদের চেয়ে উচ্চ পদবি লাভ করলে তবেই সেই ভাব উপলব্ধি করে, এবং সমগ্র সংসার ও তার সৃষ্টি-স্থিতি-প্রলয়কর্তা ঈশ্বর যাঁর মধ্যে নিত্য প্রতিষ্ঠিত, ওই ভাবের সাহায্যে সেই নির্গুণ ব্রহ্মবস্তুর সাক্ষাৎ প্রত্যক্ষ লাভ করে কৃতকৃতার্থ হয়।
শান্তাদি ভাবপঞ্চক এবং সেগুলির সাধ্যবস্তু ঈশ্বর
অদ্বৈতভাব ও তার সাহায্যে উপলব্ধ নির্গুণব্রহ্মের কথা ছেড়ে দিলে আধ্যাত্মিক রাজ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর-রূপ পঞ্চভাবের প্রকাশ দেখা যায়। সেগুলির প্রত্যেকটিরই সাধ্যবস্তু ঈশ্বর বা সগুণব্রহ্ম। অর্থাৎ সাধক মানব নিত্য-শুদ্ধ-বুদ্ধ-মুক্ত-স্বভাববান, সর্বশক্তিমান, সর্বনিয়ন্তা ঈশ্বরের প্রতি ওই সব ভাবের কোনো একটির আরোপ করে তাঁকে প্রত্যক্ষ করতে অগ্রসর হয়, এবং সর্বান্তর্যামী, সর্বভাবাধার ঈশ্বরও তার মনের ঐকান্তিকতা ও একনিষ্ঠা দেখে তার ভাবপরিপুষ্টির জন্য সেই ভাবের অনুরূপ তনু ধারণ করে তাকে দর্শন দান করে কৃতার্থ করেন। এভাবেই ভিন্ন ভিন্ন যুগে ঈশ্বরের নানা ভাবময় চিদ্ঘন মূর্তিধারণের, এবং এমনকি স্থূল মনুষ্যবিগ্রহে পর্যন্ত অবতীর্ণ হয়ে সাধকের অভীষ্ট পূর্ণ করার কথা শাস্ত্রপাঠে জানা যায়।
শান্তাদি ভাবপঞ্চকের স্বরূপ—সেগুলি জীবকে কীভাবে উন্নত করে
সংসারে জন্মগ্রহণ করে মানুষ অন্য সব মানুষের সঙ্গে যে-সব ভাব নিয়ে নিত্য সম্বদ্ধ থাকে, শান্তদাস্যাদি পঞ্চভাব সেই পার্থিব ভাবগুলিরই সূক্ষ্ম ও শুদ্ধ প্রতিকৃতিস্বরূপ। দেখা যায়, সংসারে আমরা পিতা, মাতা, স্বামী, স্ত্রী, সখা, সখী, প্রভু, ভৃত্য, পুত্র, কন্যা, রাজা, প্রজা, গুরু, শিষ্য প্রভৃতির সঙ্গে এক একটা বিশেষ সম্বন্ধ উপলব্ধি করি, এবং শত্রু না হলে অন্য সকলের সঙ্গে শ্রদ্ধাসংযুক্ত শান্ত ব্যবহার করা কর্তব্য বলে মনে করি। ভক্তাচার্যেরা সেই সম্বন্ধগুলিকেই শান্তাদি পঞ্চ শ্রেণিতে বিভক্ত করেছেন, এবং অধিকারিভেদে সেগুলির কোনো একটিকে মুখ্যরূপে অবলম্বন করে ঈশ্বরে আরোপ করতে উপদেশ দিয়েছেন। কারণ শান্তাদি পঞ্চভাবের সঙ্গে জীব নিত্য পরিচিত থাকায় সেগুলি অবলম্বন করে ঈশ্বরকে প্রত্যক্ষ করতে অগ্রসর হওয়া তার পক্ষে সুগম হবে। শুধু তা-ই নয়, প্রবৃত্তিমূলক ওই সব সম্বন্ধাশ্রিত ভাবের প্রেরণায় রাগদ্বেষাদি যে-সব বৃত্তি তার মনে জাগে, এবং যেগুলি এর আগে তাকে সংসারে নানা কুকর্মে রত করছিল, ঈশ্বরার্পিত সম্বন্ধের আশ্রয়ে সেই সব বৃত্তি তার মনে উঠলেও সেগুলির প্রবল বেগ তাকে ঈশ্বরদর্শনরূপ লক্ষ্যের অভিমুখেই এগিয়ে নিয়ে যাবে। যেমন—সকল দুঃখের কারণস্বরূপ হৃদ্রোগ কাম তাকে ঈশ্বরদর্শনকামনায় নিযুক্ত রাখবে, সেই দর্শনপথের প্রতিকূল বস্তু ও ব্যক্তিদের উপরই তার ক্রোধ প্রযুক্ত হবে, সাধ্যবস্তু ঈশ্বরের অপূর্ব প্রেম-সৌন্দর্যের সম্ভোগলোভেই সে উন্মত্ত ও মোহিত হবে, এবং ঈশ্বরের পুণ্যদর্শনলাভে কৃতকৃতার্থ ব্যক্তিদের অপূর্ব ধর্মশ্রী দেখে তা লাভ করার জন্য সে ব্যাকুল হয়ে উঠবে।
প্রেমই ভাবসাধনার উপায় এবং ঈশ্বরের সাকার ব্যক্তিত্বই তার অবলম্বন
শান্তদাস্যাদি ভাবপঞ্চক এভাবে ঈশ্বরে প্রয়োগ করতে জীব এক সময়ে বা একজনের কাছে শেখেনি। যুগে যুগে নানা মহাপুরুষ সংসারে জন্মগ্রহণ করেছেন, এবং ওই সব ভাবের এক, দুই বা ততোধিকের অবলম্বনে ঈশ্বরলাভের জন্য নিযুক্ত হয়ে, প্রেমে তাঁকে নিজের করে নিয়ে জীবকে তেমন করতে শিক্ষা দিয়েছেন। ওই সব আচার্যের অলৌকিক জীবন আলোচনা করলে এ কথার স্পষ্ট প্রতীতি হয় যে, একমাত্র প্রেমই ভাবসাধনার মূলে রয়েছে, এবং ঈশ্বরের উচ্চাবচ কোনো এক প্রকার সাকার ব্যক্তিত্বের উপরই সেই প্রেম সর্বদা প্রযুক্ত হয়েছে; কারণ দেখা যায়, অদ্বৈতভাবের উপলব্ধি মানুষ যতদিন না করতে পারে, ততদিন পর্যন্ত সে ঈশ্বরের কোনো না কোনো প্রকার সসীম সাকার ব্যক্তিত্বেরই কল্পনা ও উপলব্ধি করতে পারে।
প্রেমে ঐশ্বর্যজ্ঞানের লোপসিদ্ধি—এটিই ভাবগুলির পরিমাপক
প্রেমের স্বভাব পর্যালোচনা করলে এ কথা স্পষ্ট বোঝা যায় যে, প্রেম প্রেমিকদ্বয়ের মধ্যে ঐশ্বর্যজ্ঞানমূলক ভেদোপলব্ধি ক্রমশ তিরোহিত করে দেয়। ভাব-সাধনায় নিযুক্ত সাধকের মন থেকেও প্রেম ক্রমে ঈশ্বরের অসীম ঐশ্বর্যজ্ঞান তিরোহিত করে, এবং তাঁকে নিজের ভাবের অনুরূপ প্রেমাস্পদমাত্র বলে গণ্য করতে সাধককে সর্বথা নিযুক্ত করে। দেখা যায়, সেজন্য এই পথের সাধক প্রেমে ঈশ্বরকে সম্পূর্ণভাবে নিজের বলে জ্ঞান করে তাঁর প্রতি নানা আবদার, অনুরোধ, অভিমান, তিরস্কারাদি করতে কিছুমাত্র কুণ্ঠিত হন না। সাধককে ঈশ্বরের ঐশ্বর্যজ্ঞান ভুলিয়ে কেবলমাত্র তাঁর প্রেম ও মাধুর্যের উপলব্ধি করাতে সেই ভাবপঞ্চকের মধ্যে যেটি যতটা সক্ষম, সেটি ততটা উচ্চভাব বলে ওই পথে গণ্য হয়। ভক্তাচার্যেরা এভাবেই শান্তাদি ভাবপঞ্চকের উচ্চাবচ তারতম্য নির্ণয় করে মধুরভাবকে সর্বোচ্চ পদবি দিয়েছেন। নইলে সেগুলির প্রত্যেকটিই যে সাধককে ঈশ্বরলাভ করাতে সক্ষম, এ কথা তাঁরা সকলেই একবাক্যে স্বীকার করেছেন।
শান্তাদি ভাবের প্রত্যেকটির সাহায্যে চরম অদ্বৈতভাব–উপলব্ধি–বিষয়ে ভক্তিশাস্ত্র ও শ্রীরামকৃষ্ণ জীবনের শিক্ষা
ভাবপঞ্চকের প্রত্যেকটির চরম পরিপুষ্টিতে সাধক যে নিজেকে বিস্মৃত হয়ে কেবলমাত্র তার প্রেমাস্পদের সুখে সুখী হয়, এবং বিরহকালে তাঁর চিন্তায় তন্ময় হয়ে সময়ে সময়ে নিজের অস্তিত্বজ্ঞান পর্যন্ত হারিয়ে বসে, এ কথা আধ্যাত্মিক ইতিহাসপাঠে জানা যায়। শ্রীমদ্ভাগবতাদি ভক্তিগ্রন্থপাঠে দেখা যায়, ব্রজগোপিকারা এভাবে নিজেদের অস্তিত্বজ্ঞান শুধু বিস্মৃতই হতেন না, সময়ে সময়ে নিজেদেরকে প্রেমাস্পদ শ্রীকৃষ্ণ বলেও উপলব্ধি করে বসতেন। জীবের কল্যাণের জন্য শরীরত্যাগকালে ঈশাকে যে উৎকট দুঃখভোগ করতে হয়েছিল, তার কথা চিন্তা করতে করতে তন্ময় হয়ে কোনো কোনো সাধক-সাধিকার অনুরূপ অঙ্গসংস্থান থেকে রক্তনির্গমের কথা খ্রিস্টান সম্প্রদায়ের ভক্তিগ্রন্থে প্রসিদ্ধ আছে।[1] অতএব বোঝা যাচ্ছে, শান্তাদি ভাবপঞ্চকের প্রত্যেকটির চরম পরিপুষ্টিতে সাধক প্রেমাস্পদের চিন্তায় সম্পূর্ণভাবে তন্ময় হয়ে যায়, এবং প্রেমের প্রাবল্যে তাঁর সঙ্গে মিলিত ও একীভূত হয়ে অদ্বৈতভাব উপলব্ধি করে। শ্রীরামকৃষ্ণদেবের অলোকসামান্য সাধকজীবন এ বিষয়ে আমাদের অদ্ভুত আলো দেখিয়েছে। ভাবসাধনে অগ্রসর হয়ে তিনি প্রত্যেক ভাবের চরম পরিপুষ্টিতেই প্রেমাস্পদের সঙ্গে প্রেমে তন্ময় হয়ে গিয়েছিলেন, এবং নিজের অস্তিত্ব একেবারে বিস্মৃত হয়ে অদ্বৈতভাবের উপলব্ধি করেছিলেন।
শান্তাদি ভাবপঞ্চকের দ্বারা অদ্বৈতভাবলাভবিষয়ে আপত্তি ও মীমাংসা
প্রশ্ন হতে পারে, শান্তদাস্যাদি ভাব অবলম্বন করে মানবমন কেমন করে সর্বভাবাতীত অদ্বয়বস্তুর উপলব্ধি করবে। কারণ অন্তত দুই ব্যক্তির উপলব্ধি ছাড়া মনে কোনো প্রকার ভাবের উদয়, স্থিতি ও পরিপুষ্টি কোথাও দেখা যায় না।
সত্য। কিন্তু কোনো ভাব যত পরিপুষ্ট হয়, ততই তা আপন প্রভাব বিস্তার করে সাধকমন থেকে অন্য সব বিরোধী ভাবকে ক্রমে তিরোহিত করে। আবার যখন তার চরম পরিপুষ্টি হয়, তখন সাধকের সমাহিত অন্তঃকরণ, ধ্যানকালে পূর্বপরিদৃষ্ট ‘তুমি’ (সেব্য), ‘আমি’ (সেবক) এবং এই দুয়ের মাঝখানের দাস্যাদি সম্বন্ধ সময়ে সময়ে বিস্মৃত হয়ে, কেবলমাত্র ‘তুমি’-শব্দনির্দিষ্ট সেব্য বস্তুতে প্রেমে এক হয়ে অচলভাবে অবস্থান করতে থাকে। ভারতের বিশিষ্ট আচার্যেরা বলেছেন যে, মানবমন কখনোই যুগপৎ ‘তুমি’, ‘আমি’ ও এই দুয়ের মাঝখানের ভাবসম্বন্ধ উপলব্ধি করে না। মন এক ক্ষণে ‘তুমি’-শব্দনির্দিষ্ট বস্তুকে এবং পরক্ষণে ‘আমি’-শব্দাভিধেয় পদার্থকে প্রত্যক্ষ করে, এবং ওই উভয় পদার্থের মধ্যে সর্বদা দ্রুত পরিভ্রমণ করে বলে সেগুলির মধ্যে একটা ভাবসম্বন্ধ তার বুদ্ধিতে পরিস্ফুট হয়ে ওঠে। তখন মনে হয় যেন মন ওই দুটিকে এবং তাদের মাঝখানের সেই সম্বন্ধকে যুগপৎ প্রত্যক্ষ করছে। পরিপুষ্ট ভাবের প্রভাবে মনের চঞ্চলতা নষ্ট হয়ে যায়, এবং মন ক্রমে এ কথা ধরতে পারে। ধ্যানকালে মন এভাবে যত বৃত্তিহীন হয়, ততই সে ক্রমে বুঝতে পারে যে, এক অদ্বয় পদার্থকে দুই দিক থেকে দুই ভাবে দেখে, ‘তুমি’ ও ‘আমি’-রূপ দুই পদার্থের কল্পনা করে এসেছে।
ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন ভাবসাধনার প্রাবল্যনির্দেশ
শান্তদাস্যাদি ভাবের প্রত্যেকটি পূর্ণ-পরিপুষ্ট হয়ে মানবমনকে ওইভাবে অদ্বয় বস্তুর উপলব্ধি করাতে কত সাধকের কতকালব্যাপী চেষ্টার যে প্রয়োজন হয়েছে, তা ভাবলে বিস্মিত হতে হয়। শাস্ত্ররূপ আধ্যাত্মিক ইতিহাসপাঠে বোঝা যায়, এক এক যুগে ওই সব ভাবের এক একটি মানবমনের উপাসনার প্রধান অবলম্বন হয়ে উঠেছিল, এবং তার সাহায্যেই সেই যুগের বিশিষ্ট সাধককুল ঈশ্বরকে, এবং তাঁদের মধ্যে বিরল কেউ কেউ অখণ্ড অদ্বয় ব্রহ্মবস্তুকে উপলব্ধি করেছিলেন। দেখা যায়, বৈদিক ও বৌদ্ধ যুগে প্রধানত শান্তভাবের, ঔপনিষদিক যুগে শান্তভাবের চরম পরিপুষ্টিতে অদ্বৈতভাবের এবং দাস্য ও ঈশ্বরের পিতৃভাবের, রামায়ণ ও মহাভারতের যুগে শান্ত ও নিষ্কামকর্মসংযুক্ত দাস্যভাবের, তান্ত্রিক যুগে ঈশ্বরের মাতৃভাব ও মধুরভাবসম্বন্ধের কিছু অংশের, এবং বৈষ্ণব যুগে সখ্য, বাৎসল্য ও মধুরভাবের চরম প্রকাশ ঘটেছিল।
শান্তাদি ভাবপঞ্চকের পূর্ণ পরিপুষ্টি বিষয়ে ভারত এবং ভারতেতর দেশে যেমন দেখা যায়
ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এভাবে অদ্বৈতভাবের সঙ্গে শান্তাদি পঞ্চভাবের পূর্ণ প্রকাশ দেখা গেলেও, ভারতেতর দেশের ধর্মসম্প্রদায়গুলিতে কেবলমাত্র শান্ত, দাস্য ও ঈশ্বরের পিতৃভাবসম্বন্ধেরই প্রকাশ দেখা যায়। ইহুদি, খ্রিস্টান ও মুসলমান ধর্মসম্প্রদায়গুলিতে রাজর্ষি সোলেমানের সখ্য ও মধুর-ভাবাত্মক গীতাবলি প্রচলিত থাকলেও, তারা সেগুলির ভাব গ্রহণ করতে না পেরে ভিন্ন অর্থ কল্পনা করে। মুসলমান ধর্মের সুফী-সম্প্রদায়ের মধ্যে সখ্য ও মধুরভাবের অনেকটা প্রচলন থাকলেও মুসলমান জনসাধারণ ওইভাবে ঈশ্বরোপাসনাকে কোরানবিরোধী বলে মনে করে। আবার ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ঈশামাতা মেরীর প্রতিমা অবলম্বন করে জগন্মাতৃত্বের পূজা প্রকারান্তরে প্রচলিত থাকলেও, তা ঈশ্বরের মাতৃভাবের সঙ্গে প্রকাশ্যভাবে সংযুক্ত না থাকায়, ভারতে প্রচলিত জগজ্জননীর পূজার মতো ফলপ্রদ হয়ে সাধককে অখণ্ড সচ্চিদানন্দের উপলব্ধি করাতে ও রমণীমাত্রে ঈশ্বরীয় বিকাশ প্রত্যক্ষ করাতে পারেনি। ক্যাথলিক সম্প্রদায়ের মাতৃভাবের সেই প্রবাহ ফল্গুনদীর মতো অর্ধপথে অন্তর্হিত হয়েছে।
সাধকের ভাবের গভীরত্ব যা দেখে বোঝা যায়
আগে বলা হয়েছে, কোনো এক প্রকার ভাবসম্বন্ধ অবলম্বন করে সাধকমন ঈশ্বরের প্রতি আকৃষ্ট হলে সে ক্রমে সেই ভাবে তন্ময় হয়ে বাহ্য জগৎ থেকে বিমুখ হয় এবং নিজের মধ্যে নিজেই ডুবে যায়; এভাবে মগ্ন হওয়ার সময় মনের পূর্বসংস্কারগুলি সেই পথে বাধা দিয়ে তাকে ভাসিয়ে পুনরায় বহির্মুখ করে তোলার চেষ্টা করে। সেজন্য প্রবল পূর্বসংস্কারযুক্ত সাধারণ মানবমনের একটিমাত্র ভাবে তন্ময় হওয়াও অনেক সময় এক জীবনের চেষ্টাতে হয়ে ওঠে না। এমন ক্ষেত্রে সে প্রথমে নিরুৎসাহ, পরে হতোদ্যম হয়, এবং তারপর সাধ্যবস্তুতে বিশ্বাস হারিয়ে বাহ্যজগতের রূপরসাদিভোগকেই সার ভেবে বসে ও তা লাভ করতে আবার ধাবিত হয়। অতএব বাহ্যবিষয়বিমুখতা, প্রেমাস্পদের ধ্যানে তন্ময়ত্ব এবং ভাবপ্রসূত উল্লাসই সাধকের লক্ষ্যের অভিমুখে অগ্রসর হওয়ার একমাত্র পরিমাপক বলে ভাবাধিকারে গণ্য হয়ে আসছে।
ঠাকুরকে সর্বভাবে সিদ্ধিলাভ করতে দেখে যা মনে হয়
কোনো এক ভাবে তন্ময়ত্বলাভে অগ্রসর হয়ে যিনি কখনও অন্তর্নিহিত পূর্বসংস্কারগুলির প্রবল বাধা উপলব্ধি করেননি, সাধকমনের অন্তঃসংগ্রামের কথা তিনি কিছুমাত্র বুঝতে পারবেন না। যিনি তা করেছেন, তিনিই বুঝবেন—কত দুঃখে মানবজীবনে ভাবতন্ময়ত্ব আসে, এবং তিনিই শ্রীরামকৃষ্ণদেবকে অল্প সময়ে একের পর এক করে সকল প্রকার ভাবে অদৃষ্টপূর্ব তন্ময়ত্ব লাভ করতে দেখে বিমুগ্ধ হয়ে ভাববেন, এমন হওয়া মনুষ্যশক্তির সাধ্যায়ত্ত নয়।
ধর্মবীরদের সাধনেতিহাস লিপিবদ্ধ না থাকা সম্বন্ধে আলোচনা
ভাবরাজ্যের সূক্ষ্ম তত্ত্বগুলি সাধারণ মানবমন বুঝতে পারেনি বলেই কি অবতারপ্রথিত ধর্মবীরদের সাধনেতিহাস সম্যক লিপিবদ্ধ হয়নি? কারণ তা পড়লে দেখা যায়, তাঁদের সাধনপথে প্রবেশকালে বিষয়বৈরাগ্য ও বিষয়ত্যাগের কথা, এবং সাধনায় সিদ্ধিলাভের পরে তাঁদের ভিতর দিয়ে বিষয়বিমুগ্ধ মানবমনের কল্যাণের জন্য যে অদ্ভুত শক্তি প্রকাশিত হয়েছিল, সেই কথারই সবিস্তার আলোচনা বিদ্যমান। দেখা যায়, অন্তরের পূর্বসংস্কারগুলিকে বিধ্বস্ত ও সমূলে উৎপাটিত করে নিজের উপর সম্যক প্রভুত্ব স্থাপনের জন্য তাঁরা সাধনকালে যে অপূর্ব অন্তঃসংগ্রামে নিযুক্ত হয়েছিলেন, তার আভাসমাত্রই কেবল সেখানে আলোচিত হয়েছে। অথবা রূপক এবং অতিরঞ্জিত বাক্যের সাহায্যে সেই সংগ্রামের কথা এমনভাবে প্রকাশ করা হয়েছে যে, সেই বিবরণের মধ্য থেকে সত্য বের করে নেওয়া আমাদের পক্ষে এখন সুকঠিন হয়ে পড়েছে। কয়েকটি দৃষ্টান্ত দিলেই পাঠক আমাদের কথা বুঝতে পারবেন।
শ্রীকৃষ্ণের সম্বন্ধে এ কথা
ভগবান শ্রীকৃষ্ণ লোককল্যাণ-সাধনের উদ্দেশ্যে বিশেষ বিশেষ শক্তিলাভের জন্য অনেক সময় তপস্যায় নিযুক্ত হয়েছিলেন, এ কথা দেখা যায়। কিন্তু তাতে সিদ্ধকাম হতে তিনি কিছুকাল জল বা পবন আহার করে এক পায়ে দাঁড়িয়ে রইলেন, ইত্যাদি কথা ছাড়া বিরোধী ভাবগুলির হাত থেকে মুক্ত হওয়ার জন্য তাঁর অন্তঃসংগ্রামের কোনো বিবরণ পাওয়া যায় না।
বুদ্ধদেবের সম্বন্ধে এ কথা
ভগবান বুদ্ধের সংসারবৈরাগ্যের উদয়, অভিনিষ্ক্রমণ ও পরে ধর্মচক্রপ্রবর্তনের যতটা বিশদ ইতিহাস পাওয়া যায়, তাঁর সাধনেতিহাস ততটা পাওয়া যায় না। তবে অন্যান্য ধর্মবীরদের ভাবেতিহাসের যেমন কিছুই পাওয়া যায় না, তাঁর বেলায় তেমন নয়; তাঁর ভাবেতিহাসের অল্পস্বল্প কিছু পাওয়া যায়। দেখা যায়—সিদ্ধিলাভে দৃঢ়সংকল্প হয়ে আহার সংযম করে তিনি দীর্ঘ ছয় বছর ধরে একাসনে ধ্যান-তপস্যায় নিযুক্ত ছিলেন, এবং অন্তঃপবন নিরোধ করে ‘আস্ফানক’ নামের ধ্যানাভ্যাসে সমাধিস্থ হয়েছিলেন। কিন্তু চিত্তের পূর্বসংস্কারগুলি বিনষ্ট করতে তাঁর মানসিক সংগ্রামের কথা লিপিবদ্ধ করার সময় গ্রন্থকার স্থূল বাহ্য ঘটনার মতো ‘মারের’ সঙ্গে তাঁর সংগ্রামকাহিনির অবতারণা করেছেন।
ঈশার সম্বন্ধে এ কথা
ভগবান ঈশার সাধনেতিহাসের প্রায় কোনো কথাই লিপিবদ্ধ নেই। তাঁর বারো বছর বয়স পর্যন্ত কয়েকটি ঘটনামাত্র লিপিবদ্ধ করেই গ্রন্থকার এই কথাগুলির অবতারণা করেছিলেন—ত্রিশ বছর বয়সে জন নামের সিদ্ধ সাধুর কাছ থেকে তাঁর অভিষেক গ্রহণের পরে বিজন মরুপ্রদেশে চল্লিশ দিনব্যাপী ধ্যানতপস্যা, এবং সেই মরুপ্রদেশে ‘শয়তান’ তাঁকে প্রলোভিত করলেও জয়লাভ করে সেখান থেকে ফিরে আসা ও লোককল্যাণসাধনে নিযুক্ত হওয়া। এর পরে তিনি তিন বছর মাত্র স্থূলশরীরে ছিলেন। অতএব বারো থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত তিনি যে কীভাবে কাল যাপন করেছিলেন, তার কোনো সংবাদই নেই।
শ্রীচৈতন্য সম্বন্ধে এ কথা এবং মধুরভাবের চরমতত্ত্ব সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব
ভগবান শঙ্করের জীবনে ঘটনাবলির পারম্পর্য অনেকটা পাওয়া গেলেও, তাঁর অন্তরের ভাবেতিহাস অনেক ক্ষেত্রে অনুমান করে নিতে হয়।
ভগবান শ্রীচৈতন্যের সাধনেতিহাসের অনেক কথা লিপিবদ্ধ পাওয়া গেলেও, তাঁর কামগন্ধহীন উচ্চ ঈশ্বরপ্রেমের কথা শ্রীশ্রীরাধাকৃষ্ণের প্রণয়বিহারাদি অবলম্বন করে রূপকচ্ছলে বর্ণিত হওয়ায় সাধারণ মানুষ অনেক সময় তা যথাযথভাবে বুঝতে পারে না। এ কথা কিন্তু অবশ্য স্বীকার্য যে, ধর্মবীর শ্রীচৈতন্য ও তাঁর প্রধান প্রধান সাঙ্গোপাঙ্গেরা সখ্য, বাৎসল্য এবং বিশেষত মধুরভাবের আরম্ভ থেকে প্রায় চরম পরিস্ফূর্তি পর্যন্ত সাধকমনে যে যে অবস্থা ক্রমশ দেখা দেয়, সেগুলি রূপকের ভাষায় যতটা বলা যায়, ততটা অতি বিশদভাবে লিপিবদ্ধ করে গেছেন। কেবল ওই তিন ভাবের প্রত্যেকটির সর্বোচ্চ পরিণতিতে সাধকমন প্রেমাস্পদের সঙ্গে একত্ব অনুভব করে অদ্বয় বস্তুতে লীন হয়—এই চরম তত্ত্বটি তাঁরা প্রকাশ করেননি, অথবা তার সামান্য ইঙ্গিত দিলেও সেই অবস্থাকে হীনাবস্থা বলে সাধককে তা থেকে সতর্ক থাকতে উপদেশ দিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেবের অলোকসামান্য জীবন ও অদৃষ্টপূর্ব সাধনেতিহাস বর্তমান যুগে আমাদের সেই চরম তত্ত্ব বিশদভাবে শিক্ষা দিয়ে, জগতের যাবতীয় ধর্মসম্প্রদায়ের যাবতীয় ধর্মভাব যে সাধকমনকে একই লক্ষ্যে নিয়ে আসে, তা সম্যক বুঝতে সক্ষম করেছে। তাঁর জীবন থেকে শিক্ষণীয় অন্য সব কথা গণনায় না আনলেও, তাঁর কৃপায় কেবলমাত্র এই বিষয়টি জেনে আমাদের আধ্যাত্মিক দৃষ্টি যে প্রসারতা ও সমন্বয়াভাস পেয়েছে, সেজন্য আমরা তাঁর কাছে চিরকালের জন্য নিঃসংশয়ে ঋণী হয়েছি।
মধুরভাব ও বৈষ্ণবাচার্যেরা
আগে বলা হয়েছে, মধুরভাবই শ্রীচৈতন্যপ্রমুখ বৈষ্ণবাচার্যদের আধ্যাত্মিক জগতে প্রধান দান। তাঁরা পথ না দেখালে তা কখনোই ঈশ্বরলাভের জন্য এত লোকের অবলম্বন হয়ে সেই সব মানুষকে শান্তি ও বিমলানন্দের অধিকারী করত না। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে বৃন্দাবনলীলা যে নিরর্থক অনুষ্ঠিত হয়নি, এ কথা তাঁরাই প্রথমে বুঝে অন্যদের বোঝাতে চেষ্টা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণচৈতন্যের অভ্যুদয় না হলে শ্রীবৃন্দাবন সামান্য বনমাত্র বলে গণ্য হত।
বৃন্দাবনলীলার ঐতিহাসিকত্ব সম্বন্ধে আপত্তি ও মীমাংসা
পাশ্চাত্যের অনুকরণে বাহ্য ঘটনাবলিমাত্র লিপিবদ্ধ করতে যত্নশীল বর্তমান যুগের ঐতিহাসিকেরা বলবেন, বৃন্দাবনলীলা তোমরা যেমন বলছ, বাস্তবিক যে তেমনই হয়েছিল, সে বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায় না; অতএব তোমাদের এতটা হাসি-কান্না, ভাব-মহাভাব সব যে শূন্যে প্রতিষ্ঠিত হচ্ছে! বৈষ্ণবাচার্যেরা তার উত্তরে বলতে পারেন, পুরাণ দেখে আমরা যেমন বলছি তা যে তেমন হয়নি, সে বিষয়ে তুমিই বা এমন কী নিঃসংশয় প্রমাণ উপস্থিত করতে পারো? তোমার ইতিহাস সেই বহু প্রাচীন যুগের দ্বার নিঃসংশয়ে উদ্ঘাটিত করেছে, এ বিষয়ে যতদিন না প্রমাণ পাব, ততদিন আমরা বলব, তোমার সন্দেহই শূন্যের উপর প্রতিষ্ঠিত। আর এক কথা, যদিই কখনও তুমি তেমন প্রমাণ উপস্থিত করতে পারো, তাহলেও আমাদের বিশ্বাসের এমন কী হানি হবে? নিত্যবৃন্দাবনে শ্রীভগবানের নিত্যলীলাকে তা কিছুমাত্র স্পর্শ করবে না। ভাবরাজ্যে সেই রহস্যলীলা চিরকাল সমান সত্য থাকবে। চিন্ময় ধামে চিন্ময় রাধাশ্যামের এমন অপূর্ব প্রেমলীলা যদি দেখতে চাও, তবে প্রথমে কায়মনোবাক্যে কামগন্ধহীন হও, এবং শ্রীমতীর সখীদের কোনো একজনের পদানুগ হয়ে নিঃস্বার্থ সেবা করতে শেখো। তাহলে দেখতে পাবে, তোমার হৃদয়ে শ্রীহরির লীলাভূমি শ্রীবৃন্দাবন চির-প্রতিষ্ঠিত রয়েছে, এবং তোমাকে নিয়ে সেই লীলার নিত্য অভিনয় হচ্ছে।
বৃন্দাবনলীলা বুঝতে হলে ভাবেতিহাস বুঝতে হবে—এ বিষয়ে ঠাকুর যা বলতেন
ভাবরাজ্যকে সত্য বলে উপলব্ধি করে যিনি বাহ্যঘটনারূপ অবলম্বন ভুলতে এবং শুদ্ধ ভাবেতিহাস আলোচনা করতে শেখেননি, তিনি শ্রীবৃন্দাবনলীলার সত্যতা ও মাধুর্য কখনও উপভোগ করতে পারবেন না। শ্রীরামকৃষ্ণদেব সেই লীলার কথা সোৎসাহে বলতে বলতে যখন দেখতেন, তা তাঁর সমীপাগত ইংরেজিশিক্ষিত নব্যযুবকদলের রুচিকর হচ্ছে না, তখন বলতেন, “তোরা ওই লীলার ভিতর শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর মনের টানটাই শুধু দেখ না, ধর না—ঈশ্বরে মনের ওইরকম টান হলে তবে তাঁকে পাওয়া যায়। দেখ দেখি, গোপীরা স্বামী, পুত্র, কুল-শীল, মান-অপমান, লজ্জা-ঘৃণা, লোকভয়, সমাজ-ভয়—সব ছেড়ে শ্রীগোবিন্দের জন্য কতটা উন্মত্ত হয়ে উঠেছিল! —অমন করতে পারলে তবে ভগবান লাভ হয়!” আবার বলতেন, “কামগন্ধহীন না হলে মহাভাবময়ী শ্রীরাধার ভাব বোঝা যায় না, সচ্চিদানন্দঘন শ্রীকৃষ্ণকে দেখলেই গোপীদের মনে কোটি কোটি রমণসুখের চেয়ে বেশি আনন্দ জেগে উঠে দেহবুদ্ধির লোপ হত—তুচ্ছ দেহের রমণ কি আর তখন তাদের মনে উদয় হতে পারে রে! শ্রীকৃষ্ণের অঙ্গের দিব্য জ্যোতি তাদের শরীরকে স্পর্শ করে প্রতি লোমকূপে যে তাদের রমণসুখের চেয়ে বেশি আনন্দ অনুভব করাত!”
স্বামী বিবেকানন্দ এক সময়ে ঠাকুরের কাছে শ্রীশ্রীরাধাকৃষ্ণের বৃন্দাবনলীলার ঐতিহাসিকত্ব সম্বন্ধে আপত্তি উত্থাপন করে তার মিথ্যাত্ব প্রতিপাদন করতে চেষ্টা করেছিলেন। ঠাকুর তা শুনে তাঁকে বললেন, “আচ্ছা, ধরলাম যেন শ্রীমতী রাধিকা বলে কেউ কখনও ছিলেন না—কোনো এক প্রেমিক সাধক রাধাচরিত্র কল্পনা করেছেন। কিন্তু সেই চরিত্র কল্পনা করার সময়েও ওই সাধককে শ্রীরাধার ভাবে একেবারে তন্ময় হতে হয়েছিল, এ কথা তো মানিস? তাহলে সেই সাধকই যে তখন নিজেকে ভুলে রাধা হয়েছিল, এবং বৃন্দাবনলীলার অভিনয় যে এমনি করে স্থূলভাবেও হয়েছিল, এ কথা প্রমাণিত হয়!”
বাস্তবিক, শ্রীবৃন্দাবনে ভগবানের প্রেমলীলা সম্বন্ধে শত সহস্র আপত্তি উত্থাপিত হলেও, শ্রীচৈতন্যপ্রমুখ বৈষ্ণবাচার্যেরা যে মধুরভাবসম্বন্ধ প্রথম আবিষ্কার করেছিলেন এবং যা তাঁদের শুদ্ধ পবিত্র জীবন অবলম্বন করে প্রকাশিত হয়েছিল, তা চিরকালই সত্য থাকবে; চিরকালই এ বিষয়ের অধিকারী সাধক নিজেকে স্ত্রী ভেবে এবং শ্রীভগবানকে নিজের পতিরূপে দেখে তাঁর পুণ্যদর্শন লাভ করে ধন্য হবে, এবং সেই ভাবের চরম পরিপুষ্টিতে শুদ্ধাদ্বয় ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত হবে।
শ্রীচৈতন্যের পুরুষজাতিকে মধুরভাবসাধনে প্রবৃত্ত করার কারণ
শ্রীভগবানে পতিভাব আরোপ করে সাধনপথে অগ্রসর হওয়া স্ত্রীজাতির পক্ষে স্বাভাবিক ও সহজসাধ্য হলেও, পুংশরীরধারীদের কাছে তা অস্বাভাবিক বলে প্রতীয়মান হয়। অতএব এ প্রশ্ন সহজেই মনে আসে যে, ভগবান শ্রীচৈতন্যদেব এমন বিসদৃশ সাধনপথ লোকসমাজে কেন প্রবর্তন করলেন? তার উত্তরে বলতে হয়, যুগাবতারদের সকল কাজ লোককল্যাণের জন্য অনুষ্ঠিত হয়। ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য সেজন্যই ওই সাধনপথের প্রবর্তন করেছিলেন। সাধকেরা সেই সময়ে আধ্যাত্মিক রাজ্যে যেরকম আদর্শ উপলব্ধি করার জন্য বহুকাল থেকে ব্যগ্র ছিল, সেদিকে লক্ষ রেখে তিনি তাদের মধুরভাবরূপ পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। নইলে, ঈশ্বরাবতার নিত্যমুক্ত শ্রীগৌরাঙ্গদেব নিজের কল্যাণের জন্য যে সেই ভাবসাধনে নিযুক্ত হয়ে তার পূর্ণাদর্শ জনসমাজে প্রতিষ্ঠিত করেছিলেন, তা নয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, “হাতির বাইরের দাঁত যেমন শত্রুকে আক্রমণের জন্য, এবং ভিতরের দাঁত খাদ্য চিবিয়ে নিজের শরীর পোষণের জন্য থাকে, তেমনই শ্রীগৌরাঙ্গের অন্তরে ও বাইরে দুই প্রকার ভাবের প্রকাশ ছিল। বাইরের মধুরভাবের সাহায্যে তিনি লোককল্যাণসাধন করতেন, এবং অন্তরের অদ্বৈতভাবে প্রেমের চরম পরিপুষ্টিতে ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত হয়ে স্বয়ং ভূমানন্দ অনুভব করতেন।”
সেকালে দেশের আধ্যাত্মিক অবস্থা ও শ্রীচৈতন্য কীভাবে তাকে উন্নীত করেন
পুরাতত্ত্ববিদেরা বলেন, বৌদ্ধযুগের অবসানকালে দেশে বজ্রযানরূপ মার্গ এবং সেই মতের আচার্যদের অভ্যুদয় হয়েছিল। তাঁরা প্রচার করেছিলেন—নির্বাণপ্রয়াসী মানবমন বাসনাগুলির হাত থেকে প্রায় মুক্ত হয়ে ধ্যানের সাহায্যে যখন মহাশূন্যে লীন হতে অগ্রসর হয়, তখন ‘নিরাত্মা’ নামের দেবী তার সম্মুখীন হয়ে তাকে লীন হতে না দিয়ে নিজের অঙ্গে সংযুক্ত করে রাখেন, এবং সাধকের স্থূল শরীররূপ ভোগায়তনের উপলব্ধি তখন না থাকলেও, তার সূক্ষ্মশরীর থাকায় দেবী তাকে ইন্দ্রিয়জ সকল ভোগসুখের সারসমষ্টি নিত্য উপভোগ করান। স্থূলবিষয়ভোগ ত্যাগ করলে ভাবরাজ্যে সূক্ষ্ম নিরবচ্ছিন্ন ভোগসুখ পাওয়া যায়—তাঁদের প্রচারিত এই মত কালে বিকৃত হয়ে নিরবচ্ছিন্ন স্থূলভোগসুখপ্রাপ্তিকে ধর্মানুষ্ঠানের উদ্দেশ্য করে তুলবে, এবং দেশে ব্যভিচারের মাত্রা বাড়িয়ে দেবে, এতে বিচিত্র কিছু নেই। ভগবান শ্রীচৈতন্যদেবের আবির্ভাবকালে দেশের অশিক্ষিত জনসাধারণ ওই সব বিকৃত বৌদ্ধধর্মমত অবলম্বন করে নানা সম্প্রদায়ে বিভক্ত ছিল। উচ্চবর্ণের অধিকাংশের মধ্যে তন্ত্রোক্ত বামাচার বিকৃত হয়ে, শ্রীশ্রীজগদম্বার সকাম পূজা ও উপাসনা করে অসাধারণ বিভূতি ও ভোগসুখ লাভ করা যায়—এই মতের প্রচলন হয়েছিল। আবার এই সময়ের যথার্থ সাধককুল আধ্যাত্মিক রাজ্যে ভাবের সাহায্যে নিরবচ্ছিন্ন আনন্দলাভের চেষ্টা করেও পথের সন্ধান পাচ্ছিলেন না। ভগবান শ্রীচৈতন্য অদ্ভুত ত্যাগ-বৈরাগ্যের আদর্শ নিজের জীবনে পালন করে ওই সব সাধকের সামনে প্রথমে প্রতিষ্ঠিত করলেন। পরে, শুদ্ধ পবিত্র হয়ে নিজেকে প্রকৃতি ভেবে ঈশ্বরকে পতিরূপে ভজনা করলে জীব যে সূক্ষ্ম ভাবরাজ্যে নিরবচ্ছিন্ন দিব্যানন্দ লাভ করতে সত্য সত্য পারে, তা তাদের দেখিয়ে গেলেন, এবং স্থূলদৃষ্টিসম্পন্ন সাধারণ জনগণের কাছে ঈশ্বরের নামমাহাত্ম্য প্রচার করে তাদের নামজপ ও উচ্চসংকীর্তনে নিযুক্ত করলেন। এভাবে পথভ্রষ্ট, লক্ষ্যবিচ্যুত, বহুলবিকৃত বৌদ্ধসম্প্রদায়গুলি তাঁর কৃপায় আবার আধ্যাত্মিক পথে উন্নীত হয়েছিল। বিকৃত বামাচারের অনুষ্ঠানকারীদের দলগুলি প্রথম প্রথম প্রকাশ্যে তাঁর বিরুদ্ধাচরণ করলেও, পরে তাঁর অদৃষ্টপূর্ব জীবনাদর্শের অদ্ভুত আকর্ষণে ত্যাগশীল হয়ে নিষ্কামভাবে পূজা করে শ্রীশ্রীজগন্মাতার দর্শনলাভের চেষ্টা করেছিল। সেইজন্য ভগবান শ্রীচৈতন্যের অলৌকিক জীবন-কথা লিপিবদ্ধ করতে গিয়ে কোনো কোনো গ্রন্থকার স্পষ্ট লিখেছেন, তাঁর অবতীর্ণ হওয়ার সময়ে শূন্যবাদী বৌদ্ধসম্প্রদায়গুলিও আনন্দ প্রকাশ করেছিল।[2]
মধুরভাবের স্থূল কথা
সচ্চিদানন্দ-ঘন পরমাত্মা শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ—এবং জগতের স্থূল সূক্ষ্ম যাবতীয় পদার্থ ও জীবদের প্রত্যেকেই তাঁর মহাভাবময়ী প্রকৃতির অংশসম্ভূত—অতএব, তাঁর স্ত্রী। সেজন্য শুদ্ধ পবিত্র হয়ে জীব তাঁকে পতিরূপে সর্বান্তঃকরণে ভজনা করলে তাঁর কৃপায় তার গতিমুক্তি ও নিরবচ্ছিন্ন আনন্দপ্রাপ্তি হয়—এটাই শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রচারিত মধুরভাবের স্থূল কথা। মহাভাবে সর্বভাবের একত্র সমাবেশ। প্রধানা গোপী শ্রীরাধা সেই মহাভাবস্বরূপিণী, এবং অন্য গোপিকাদের প্রত্যেকে মহাভাবান্তর্গত অন্তর্ভাবগুলির এক, দুই বা ততোধিক ভাবস্বরূপিণী। সুতরাং ব্রজগোপিকাদের ভাবের অনুকরণে সাধনে প্রবৃত্ত হয়ে সাধক ওই সব অন্তর্ভাব নিজের আয়ত্তে আনতে পারে, এবং পরিশেষে মহাভাবোত্থ মহানন্দের আভাস পেয়ে ধন্য হয়। এভাবে মহাভাবস্বরূপিণী[3] শ্রীরাধিকার ভাবানুষ্ঠানে নিজের সুখবাঞ্ছা একেবারে পরিত্যাগ করে কায়মনোবাক্যে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সুখে সুখী হওয়াই এই পথে সাধকের চরম লক্ষ্য।
স্বাধীনা নায়িকার সর্বগ্রাসী প্রেম ঈশ্বরে আরোপ করতে হবে
সামাজিক বিধানে বিবাহিত নায়ক-নায়িকারা পরস্পরের প্রতি প্রেম, জাতি, কুল, শীল, লোকভয়, সমাজভয় প্রভৃতি নানা বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইরকম নায়ক-নায়িকা সেগুলির সীমার ভিতরে অবস্থান করে, নানা কর্তব্যাকর্তব্যের দিকে লক্ষ রেখে পরস্পরকে সুখী করতে যথাসম্ভব ত্যাগস্বীকার করে। বিবাহিতা নায়িকা সামাজিক কঠোর নিয়মবন্ধনগুলি যথাযথ পালন করতে গিয়ে অনেক সময় নায়কের প্রতি নিজের প্রেমসম্বন্ধ ভুলতে বা হ্রাস করতে সংকুচিত হয় না; স্বাধীনা নায়িকার প্রেমের আচরণ কিন্তু অন্যরকম। প্রেমের প্রাবল্যে এমন নায়িকা অনেক সময় সেই সব নিয়মবন্ধনকে পদদলিত করতে, এবং সমাজপ্রদত্ত নিজের সামাজিক অধিকারের সর্বস্ব ত্যাগ করে নায়কের সঙ্গে সংযুক্ত হতে কুণ্ঠিত হয় না। বৈষ্ণবাচার্যেরা এই সর্বগ্রাসী প্রেমসম্বন্ধ ঈশ্বরে আরোপ করতে সাধককে উপদেশ দিয়েছেন, এবং বৃন্দাবনাধীশ্বরী শ্রীরাধা সেজন্যই আয়ান ঘোষের বিবাহিতা পত্নী হয়েও শ্রীকৃষ্ণপ্রেমে সর্বস্বত্যাগিনী বলে বর্ণিত হয়েছেন।
মধুরভাব অন্য সকল ভাবের সমষ্টি ও অধিক
বৈষ্ণবাচার্যেরা মধুরভাবকে শান্তাদি অন্য চার প্রকার ভাবের সারসমষ্টি এবং ততোধিক বলে বর্ণনা করেছেন। কারণ প্রেমিকা নায়িকা ক্রীতদাসীর মতো প্রিয়ের সেবা করেন, সখীর মতো সর্বাবস্থায় তাঁকে সুপরামর্শ দিয়ে তাঁর আনন্দে উল্লসিত ও দুঃখে সমবেদনাযুক্ত হন, মায়ের মতো সতত তাঁর শরীর-মনের পোষণে এবং কল্যাণকামনায় নিযুক্ত থাকেন, এবং এভাবে সর্বপ্রকারে নিজেকে ভুলে প্রিয়তমের কল্যাণসাধন ও চিত্তবিনোদন করে তাঁর মন অপূর্ব শান্তিতে আপ্লুত করেন! যে নায়িকা এমন করে প্রেমভাবে আত্মবিস্মৃত হয়ে প্রিয়ের কল্যাণ ও সুখের দিকে সর্বতোভাবে দৃষ্টি নিবদ্ধ রাখেন, তাঁর প্রেমই সর্বশ্রেষ্ঠ, এবং তিনিই ভক্তিগ্রন্থে সমর্থা প্রেমিকা বলে নির্দিষ্ট হয়েছেন। স্বার্থগন্ধদুষ্ট অন্য সকল প্রকার প্রেম সমঞ্জসা ও সাধারণী শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে। সমঞ্জসা-শ্রেণির নায়িকা প্রিয়ের সুখের সমানই আত্মসুখের দিকেও লক্ষ রাখে, এবং সাধারণী-শ্রেণির নায়িকা কেবলমাত্র আত্মসুখের জন্য নায়ককে প্রিয় মনে করে।
শ্রীচৈতন্য মধুরভাবের সাহায্যে কীভাবে লোককল্যাণ করেছিলেন
বিষয়সুখ বিষের মতো পরিত্যাগ করে জীবন নিয়মিত করতে এবং প্রেমে শ্রীকৃষ্ণপ্রিয়ার স্থানে দাঁড়াতে সাধকদের শিক্ষা দিয়ে ও নামমাহাত্ম্য প্রচার করে, ভগবান শ্রীচৈতন্যদেব সেই সময়ে দেশের ব্যভিচার নিবারণ ও কল্যাণসাধন করতে চেষ্টা করেছিলেন। ফলে সেই সময়ে তাঁর ভাব ও উপদেশ পথভ্রষ্টকে পথ দেখিয়ে, সমাজচ্যুতদের নবীন সমাজবন্ধনে এনে, জাতিবহির্ভূতদের ভগবদ্ভক্তরূপ জাতির অন্তর্ভুক্ত করে, এবং সর্বসম্প্রদায়ের সামনে ত্যাগবৈরাগ্যের পবিত্র উচ্চাদর্শ তুলে ধরে অশেষ লোককল্যাণ সাধন করেছিল। শুধু তা-ই নয়—সাধারণ নায়ক-নায়িকার প্রণয় ও মিলন থেকে “অষ্ট সাত্ত্বিকবিকার”[4] নামের যে মানসিক ও শারীরিক বিকারগুলি জন্মায়, সেগুলি শ্রীশ্রীজগৎস্বামীর তীব্র ধ্যানানুচিন্তনে পবিত্রচেতা সাধকের সত্য সত্যই দেখা দেয়—বৈষ্ণবসম্প্রদায়ে প্রচারিত মধুরভাব শ্রীচৈতন্যের অলৌকিক জীবনের সাহায্যে এ কথা নিঃসংশয়ে প্রমাণ করে সেকালে অলংকারশাস্ত্রকে আধ্যাত্মিক শাস্ত্রগুলির অঙ্গীভূত করেছিল, কুবাক্যগুলিকে উচ্চ আধ্যাত্মিক ভাবে রঞ্জিত করে সাধকমনের উপভোগ্য ও উন্নতিবিধায়ক করেছিল, এবং শান্তভাবের অনুষ্ঠানে যেগুলি অবশ্যই পরিহার করতে হয়, সেই কামক্রোধাদি ইতর ভাবগুলিকে, শ্রীভগবানকে নিজের করে নিয়ে, তাঁর জন্য এবং তাঁরই উপর প্রয়োগ করতে সাধককে শিখিয়ে তার সাধনপথ সুগম করে দিয়েছিল।
বেদান্তবিৎ মধুরভাবসাধনকে যেভাবে সাধকের কল্যাণকর বলে গ্রহণ করেন
পাশ্চাত্যশিক্ষাপ্রাপ্ত বর্তমান যুগের নব্য সম্প্রদায়ের চোখে মধুরভাব পুংশরীরধারীদের পক্ষে অস্বাভাবিক ও বিসদৃশ বলে মনে হলেও, বেদান্তবাদীর কাছে তার সমুচিত মূল্য নির্ধারিত হতে বিলম্ব হয় না। তিনি দেখেন, ভাবসমূহই বহুকালের অভ্যাসে মানব-মনে দৃঢ়-সংস্কারে পরিণত হয়, এবং জন্মজন্মাগত এমন সব সংস্কারের জন্যই মানুষ এক অদ্বয় ব্রহ্মবস্তুর স্থানে এই বিচিত্র জগৎ দেখতে পায়। ঈশ্বরানুগ্রহে এই মুহূর্তে যদি সে জগৎ নেই বলে ঠিক ঠিক ভাবনা করতে পারে, তবে তখনই তা তার চক্ষুরাদি ইন্দ্রিয়গুলির সামনে থেকে কোথায় অন্তর্হিত হবে। জগৎ আছে ভাবে বলেই মানুষের কাছে জগৎ বর্তমান। আমি নিজেকে পুরুষ বলে ভাবি বলেই পুরুষভাবাপন্ন হয়ে রয়েছি, এবং আর একজন নিজেকে স্ত্রী বলে ভাবে বলেই স্ত্রীভাবাপন্ন হয়ে রয়েছে। আবার, মানবহৃদয়ে এক ভাব প্রবল হয়ে অন্য সব বিপরীত ভাবকে যে সমাচ্ছন্ন এবং ক্রমে বিনষ্ট করে, এটাও নিত্যপরিদৃষ্ট। অতএব ঈশ্বরের প্রতি মধুরভাবসম্বন্ধের আরোপ করে তার প্রাবল্যে সাধকের নিজের মনের অন্য সব ভাবকে সমাচ্ছন্ন এবং ক্রমে উৎসাদিত করার চেষ্টাকে বেদান্তবিৎ অন্য কাঁটার সাহায্যে পায়ে-ফোটা কাঁটা তোলার চেষ্টার মতো বিবেচনা করেন। মানবমনের অন্য সব সংস্কারের অবলম্বনস্বরূপ ‘আমি দেহী’—এই বোধ, এবং সেই দেহের সংযোগে ‘আমি পুরুষ বা স্ত্রী’—এই সংস্কারই সবচেয়ে প্রবল। বলা বাহুল্য, শ্রীভগবানে পতিভাব আরোপ করে ‘আমি স্ত্রী’ বলে ভাবতে ভাবতে সাধক-পুরুষ নিজের পুংস্ত্ব ভুলতে পারার পরে, ‘আমি স্ত্রী’ এ ভাবটিকেও অতি সহজে ছুড়ে ফেলে ভাবাতীত অবস্থায় উপনীত হতে পারবেন। অতএব মধুরভাবে সিদ্ধ হলে সাধক যে ভাবাতীত ভূমির অতি কাছেই পৌঁছবেন, বেদান্তবাদী দার্শনিকের চোখে এটাই সর্বথা প্রতীয়মান হয়।
শ্রীমতীর ভাব লাভ করাই মধুরভাব সাধনের চরম লক্ষ্য
প্রশ্ন হতে পারে, তবে কি রাধাভাব লাভ করাই সাধকের চরম লক্ষ্য? উত্তরে বলতে হয়, বৈষ্ণব গোস্বামীরা এখন তা অস্বীকার করে সখীভাবপ্রাপ্তিই সাধ্য এবং মহাভাবময়ী শ্রীরাধিকার ভাবলাভ সাধকের পক্ষে অসাধ্য বলে প্রচার করলেও, রাধাভাবলাভই সাধকের চরম লক্ষ্য বলে অনুমিত হয়। কারণ, দেখা যায়, সখীদের ও শ্রীমতীর ভাবের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই, কেবলমাত্র পরিমাণগত পার্থক্যই রয়েছে। দেখা যায়, শ্রীমতীর মতো সখীরাও সচ্চিদানন্দঘন শ্রীকৃষ্ণকে পতিভাবে ভজনা করতেন, এবং শ্রীরাধার সঙ্গে মিলনে শ্রীকৃষ্ণের সবচেয়ে বেশি আনন্দ দেখে, তাঁকে সুখী করার জন্যই শ্রীশ্রীরাধাকৃষ্ণের মিলন ঘটাতে সর্বদা যত্ন করতেন। আবার দেখা যায়, শ্রীরূপ, শ্রীসনাতন, শ্রীজীব প্রভৃতি প্রাচীন গোস্বামিপাদদের প্রত্যেকে মধুরভাব-পরিতুষ্টির জন্য পৃথক পৃথক শ্রীকৃষ্ণবিগ্রহের সেবায় শ্রীবৃন্দাবনে জীবন কাটালেও, সেই সঙ্গে শ্রীরাধিকার মূর্তি প্রতিষ্ঠা করে সেবা করার প্রয়াস পাননি—নিজেদের রাধাস্থানীয় ভাবতেন বলেই যে তাঁরা তা করেননি, এ থেকে এ কথাই অনুমিত হয়।
বৈষ্ণবতন্ত্রোক্ত মধুরভাব যাঁরা বিস্তারিতভাবে আলোচনা করতে চান, তাঁরা শ্রীরূপ, শ্রীসনাতন ও শ্রীজীবাদি প্রাচীন গোস্বামিপাদদের গ্রন্থগুলি, এবং শ্রীবিদ্যাপতি-চণ্ডীদাস প্রমুখ বৈষ্ণবকবিকুলের পূর্বরাগ, দান, মান ও মাথুর বিষয়ে লেখা পদাবলি আলোচনা করবেন। মধুরভাবসাধন শুরু করে ঠাকুর তাতে কী অপূর্ব চরমোৎকর্ষ লাভ করেছিলেন, তা বুঝতে সহজ হবে বলেই আমরা তার সারাংশ সংক্ষেপে আলোচনা করলাম।
[1] Vide Life of St. Francis of Assisi and St. Catherine of Sienna.
[2] ‘চৈতন্যমঙ্গল’ গ্রন্থ দেখো।
[3] কৃষ্ণস্য সুখে পীড়াশঙ্কয়া নিমিষস্যাপি অসহিষ্ণুতাদিকং যত্র স রূঢ়ো মহাভাবঃ। কোটিব্রহ্মাণ্ডগতং সমস্তসুখং যস্য সুখস্য লেশোঽপি ন ভবতি, সমস্তবৃশ্চিকসর্পাদিদংশকৃত দুঃখমপি যস্য দুঃখস্য লেশো ন ভবতি এবম্ভূতে কৃষ্ণসংযোগবিয়োগয়োঃ সুখদুঃখে যতো ভবতঃ সঃ অধিরূঢ়ঃ মহাভাবঃ। অধিরূঢ়স্যৈব মোদন মাদন ইতি দ্বৌ রূপৌ ভবতঃ। ইত্যাদি – শ্রীবিশ্বনাথ চক্রবর্তীর ভক্তিগ্রন্থাবলী।
[4] যে চিত্তং তনুঞ্চ ক্ষোভয়ন্তি তে সাত্ত্বিকাঃ। তে অষ্টৌ স্তম্ভ স্বেদঃ রোমাঞ্চস্বরভেদ বেপথুবৈবর্ণ্যাশ্রুপ্রলয়াঃ ইতি। তে ধূমায়িতা জ্বলিতা দীপ্তা উদ্দীপ্তা সুদীপ্তা ইতি পঞ্চবিধা যথোত্তরসুখদা স্যুঃ। – আকরগ্রন্থ
বাল্যকাল থেকে ঠাকুরের মনের ভাব-তন্ময়তার আচরণ
ঠাকুরের একাগ্র মনে যখন যে ভাবের উদয় হত, তাতে তিনি কিছুকালের জন্য তন্ময় হয়ে যেতেন। সেই ভাব তখন তাঁর মনে পূর্ণ অধিকার স্থাপন করে অন্য সব ভাবের লোপ ঘটাত, এবং তাঁর শরীরকে বদলে দিয়ে নিজের প্রকাশানুরূপ যন্ত্র করে তুলত। বাল্যকাল থেকে তাঁর এই স্বভাবের কথা শোনা যায়, এবং দক্ষিণেশ্বরে যাতায়াতের সময় আমরা এর নিত্য পরিচয় পেতাম। দেখতাম, সংগীতাদি শুনে বা অন্য কোনো উপায়ে তাঁর মন ভাববিশেষে মগ্ন হলে কেউ যদি সহসা অন্য ভাবের সংগীত বা কথা আরম্ভ করত, তাহলে তিনি বিষম যন্ত্রণা অনুভব করতেন। বলা বাহুল্য, এক লক্ষ্যে প্রবাহিত চিত্তবৃত্তিগুলির গতি সহসা রুদ্ধ হওয়ার ফলেই তাঁর এই কষ্ট হত। মহামুনি পতঞ্জলি এক ভাবে তরঙ্গিত চিত্তবৃত্তিযুক্ত মনকে সবিকল্প সমাধিস্থ বলে অভিহিত করেছেন, এবং ভক্তিগ্রন্থগুলিতে সেই সমাধিকে ভাবসমাধি বলা হয়েছে। অতএব দেখা যাচ্ছে, ঠাকুরের মন আজীবন এইরকম সমাধিতে অবস্থান করতে পারত।
সাধনকালে তাঁর মনের সেই স্বভাবের কেমন পরিবর্তন হয়
সাধনায় প্রবর্তিত হওয়ার সময় থেকে তাঁর মনের সেই স্বভাব এক অপূর্ব ভিন্ন পথ ধরেছিল। কারণ দেখা যায়, সেই সময়ে তাঁর মন আগের মতো কোনো একটি ভাবে কিছুক্ষণ মাত্র অবস্থান করেই অন্য কোনো ভাব অবলম্বন করছে না; বরং কোনো এক ভাবে আবিষ্ট হলে, যতক্ষণ না সেই ভাবের চরম সীমায় উপনীত হয়ে অদ্বৈতভাবের আভাস পর্যন্ত উপলব্ধি করছে, ততক্ষণ সেই ভাবকেই অবলম্বন করে সর্বক্ষণ অবস্থান করছে। দৃষ্টান্ত হিসেবে বলা যেতে পারে যে, দাস্যভাবের চরম সীমায় না পৌঁছনো পর্যন্ত তিনি মাতৃভাব উপলব্ধি করতে অগ্রসর হননি; আবার মাতৃভাবসাধনায় চরমোপলব্ধি না করে বাৎসল্যাদি ভাবের সাধন শুরু করেননি। তাঁর সাধনকালের ইতিহাস পর্যালোচনা করলে সর্বত্র এরকমই দেখা যায়।
সাধনকালের আগে ঠাকুরের মধুরভাব ভালো লাগত না
ব্রাহ্মণী যখন আসেন, তখন ঠাকুরের মন ঈশ্বরের মাতৃভাবের অনুধ্যানে পূর্ণ ছিল। জগতের যাবতীয় প্রাণী ও পদার্থে, বিশেষত স্ত্রীমূর্তিগুলিতে, তিনি তখন শ্রীশ্রীজগদম্বার প্রকাশ সাক্ষাৎ প্রত্যক্ষ করছিলেন। অতএব ব্রাহ্মণীকে দেখামাত্র তিনি কেন মাতৃসম্বোধন করেছিলেন এবং সময়ে সময়ে বালকের মতো কোলে বসে তাঁর হাতে খেতেন, তার কারণ স্পষ্ট বোঝা যায়। হৃদয়ের মুখে শুনেছি, এই সময়ে ব্রাহ্মণী কখনও কখনও ব্রজগোপিকাদের ভাবে আবিষ্ট হয়ে মধুররসাত্মক সংগীত আরম্ভ করলে ঠাকুর বলতেন, ও ভাব তাঁর ভালো লাগে না, এবং তাঁকে সেই ভাব সংবরণ করে মাতৃভাবের ভজন গাইতে অনুরোধ করতেন। ব্রাহ্মণীও তা শুনে ঠাকুরের মানসিক অবস্থা যথাযথ বুঝে তাঁর প্রীতির জন্য তৎক্ষণাৎ শ্রীশ্রীজগদম্বার দাসীভাবে সংগীত আরম্ভ করতেন, অথবা ব্রজগোপালের প্রতি নন্দরানী শ্রীমতী যশোদার হৃদয়ের গভীর উচ্ছ্বাসে ভরা সংগীতের অবতারণা করতেন। এ ঘটনা অবশ্য ঠাকুরের মধুরভাবসাধন শুরু করার বহু আগের কথা। ‘ভাবের ঘরে চুরি’ যে তাঁর মনে কোনোকালে বিন্দুমাত্র ছিল না, তা এ থেকে বোঝা যায়।
এর কয়েক বছর পরে ঠাকুরের মন কীভাবে পরিবর্তিত হয়ে বাৎসল্যভাবসাধনে অগ্রসর হয়েছিল, সে কথা আমরা পাঠককে আগেই বলেছি। অতএব মধুরভাবসাধনে অগ্রসর হয়ে তিনি যেসব অনুষ্ঠানে রত হয়েছিলেন, এখন আমরা সেসব কথা বলব।
ঠাকুরের সাধনগুলি কখনও শাস্ত্রবিরোধী হয়নি—এতে যা প্রমাণিত হয়
ঠাকুরের জীবনালোচনা করলে দেখা যায়, আমরা যাকে ‘নিরক্ষর’ বলি, প্রায় পূর্ণমাত্রায় তেমন হয়েও তিনি কেমন করে আজীবন শাস্ত্রমর্যাদা রক্ষা করে চলে এসেছেন। গুরুগ্রহণ করার আগে কেবলমাত্র নিজের হৃদয়ের প্রেরণায় তিনি যেসব সাধনানুষ্ঠানে রত হয়েছিলেন, সেগুলিও কখনও শাস্ত্রবিরোধী না হয়ে শাস্ত্রের অনুগামী হয়েছিল। ‘ভাবের ঘরে চুরি’ না রেখে শুদ্ধ পবিত্র হৃদয়ে ঈশ্বরলাভের জন্য ব্যাকুল হলে যে এরকমই হয়, এতে তার স্পষ্ট পরিচয় পাওয়া যায়। ঘটনা এমন হওয়া বিচিত্র নয়; কারণ শাস্ত্রগুলি যে এভাবেই প্রণীত হয়েছে, তা অল্প চিন্তা করলেই বোঝা যায়। কারণ, মহাপুরুষদের সত্যলাভের চেষ্টা ও উপলব্ধিগুলি লিপিবদ্ধ হয়ে পরে ‘শাস্ত্র’ আখ্যা পেয়েছে। সে যা হোক, নিরক্ষর ঠাকুর শাস্ত্রনির্দিষ্ট উপলব্ধিগুলি যথাযথ অনুভব করেছেন বলে শাস্ত্রগুলির সত্যতা বিশেষভাবে প্রমাণিত হয়েছে। স্বামী শ্রীবিবেকানন্দ এ কথা উল্লেখ করে বলেছেন—ঠাকুরের এবার নিরক্ষর হয়ে আগমনের কারণ শাস্ত্রগুলিকে সত্য বলে প্রমাণ করা।
তাঁর স্বভাবত শাস্ত্রমর্যাদা রাখার দৃষ্টান্ত—সাধনকালে নাম, ভেক ও বেশ–গ্রহণ
স্বভাবত শাস্ত্রমর্যাদা রক্ষা করার দৃষ্টান্ত হিসেবে আমরা এখানে বিশেষ বিশেষ ভাবের প্রেরণায় ঠাকুরের নানা বেশগ্রহণের কথা উল্লেখ করতে পারি। উপনিষদ-মুখে ঋষিরা বলেছেন—‘তপসো বাপ্যলিঙ্গাৎ’[1] সিদ্ধ হওয়া যায় না। ঠাকুরের জীবনেও দেখা যায়, তিনি যখন যে ভাবসাধনে ব্রতী হয়েছিলেন, তখন হৃদয়ের প্রেরণায় প্রথমেই সেই ভাবানুকূল বেশভূষা বা বাহ্য চিহ্নগুলি ধারণ করেছিলেন। যেমন, তন্ত্রোক্ত মাতৃভাবে সিদ্ধিলাভের জন্য তিনি রক্তবস্ত্র, বিভূতি, সিন্দূর ও রুদ্রাক্ষাদি ধারণ করেছিলেন; বৈষ্ণবতন্ত্রোক্ত ভাবগুলির সাধনকালে গুরুপরম্পরাপ্রসিদ্ধ ভেক বা তার অনুকূল বেশ গ্রহণ করে শ্বেতবস্ত্র, শ্বেতচন্দন, তুলসী-মালা প্রভৃতিতে নিজের অঙ্গ ভূষিত করেছিলেন। বেদান্তোক্ত অদ্বৈতভাবে সিদ্ধ হবেন বলে শিখাসূত্র ত্যাগ করে কাষায় ধারণ করেছিলেন, ইত্যাদি। আবার পুংভাবগুলির সাধনকালে তিনি যেমন বিবিধ পুরুষবেশ ধারণ করেছিলেন, তেমনই স্ত্রীজনোচিত ভাবগুলির সাধনকালে রমণীর বেশভূষায় নিজেকে সজ্জিত করতে কুণ্ঠিত হননি। ঠাকুর আমাদের বারংবার শিক্ষা দিয়েছেন—লজ্জা, ঘৃণা, ভয় ও জন্মজন্মাগত জাতি-কুল-শীলাদি অষ্টপাশ ত্যাগ না করলে কেউ কখনও ঈশ্বরলাভ করতে পারে না। সেই শিক্ষা তিনি স্বয়ং আজীবন কায়মনোবাক্যে কতটা পালন করেছিলেন, তা সাধনকালে তাঁর বিবিধ বেশধারণাদি থেকে আরম্ভ করে প্রতিটি কার্যকলাপ পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায়।
মধুরভাবসাধনে প্রবৃত্ত ঠাকুরের স্ত্রীবেশগ্রহণ
মধুরভাবসাধন শুরু করে ঠাকুর স্ত্রীজনোচিত বেশভূষা ধারণের জন্য ব্যগ্র হয়ে উঠেছিলেন, এবং পরমভক্ত মথুরামোহন তাঁর এই অভিপ্রায় জানতে পেরে কখনও বহুমূল্য বারাণসী শাড়ি এবং কখনও ঘাগরা, ওড়না, কাঁচুলি প্রভৃতি দিয়ে তাঁকে সাজিয়ে সুখী হয়েছিলেন। আবার ‘বাবা’র রমণীবেশ সর্বাঙ্গসম্পূর্ণ করার জন্য শ্রীযুক্ত মথুর চাঁচর কেশপাশ (পরচুলা) এবং এক সুট সোনার অলংকারেও তাঁকে ভূষিত করেছিলেন। আমরা বিশ্বস্তসূত্রে শুনেছি, ভক্তিমান মথুরের এই দানে দুষ্টচিত্ত লোকেরা ঠাকুরের কঠোর ত্যাগে কলঙ্ক আরোপ করার সুযোগ পেয়েছিল; কিন্তু ঠাকুর ও মথুরামোহন সেসব কথায় কিছুমাত্র মন না দিয়ে নিজ নিজ লক্ষ্যে অগ্রসর হয়েছিলেন। মথুরামোহন ‘বাবা’র পরিতৃপ্তিতে এবং নিজে যে তা নিরর্থক করছেন না—এই বিশ্বাসে পরম সুখী হয়েছিলেন; আর ঠাকুর সেই বেশভূষায় সজ্জিত হয়ে শ্রীহরির প্রেমৈকলোলুপা ব্রজরমণীর ভাবে ক্রমে এত মগ্ন হয়েছিলেন যে, নিজের মধ্যে তাঁর পুরুষবোধ একেবারে অন্তর্হিত হয়ে প্রতিটি চিন্তা ও কথা রমণীর মতো হয়ে গিয়েছিল। ঠাকুরের কাছে শুনেছি, মধুরভাবসাধনকালে তিনি ছয় মাস রমণীবেশ ধারণ করে কাটিয়েছিলেন।
স্ত্রীবেশগ্রহণে ঠাকুরের প্রত্যেক আচরণ স্ত্রীজাতির মতো হওয়া
ঠাকুরের ভিতর স্ত্রী ও পুরুষ—উভয় ভাবের বিচিত্র সমাবেশের কথা আমরা অন্যত্র উল্লেখ করেছি। অতএব স্ত্রীবেশের উদ্দীপনায় তাঁর মনে যে এখন রমণীভাবের উদয় হবে, তা বিচিত্র নয়। কিন্তু সেই ভাবের প্রেরণায় তাঁর চলন, বলন, হাসি, কটাক্ষ, অঙ্গভঙ্গি এবং শরীর ও মনের প্রত্যেকটি ক্রিয়া যে একেবারে ললনা-সুলভ হয়ে উঠবে, এ কথা কেউ কখনও কল্পনা করতে পারেনি। অথচ এমন অসম্ভব ঘটনা যে তখন সত্যিই ঘটেছিল, এ কথা আমরা ঠাকুর ও হৃদয় দুজনের কাছেই বহুবার শুনেছি। দক্ষিণেশ্বরে যাতায়াতের সময় আমরা অনেকবার তাঁকে রঙ্গচ্ছলে স্ত্রীচরিত্রের অভিনয় করতে দেখেছি। তখন সেই অভিনয় এতই সর্বাঙ্গসম্পূর্ণ হত যে, রমণীরাও তা দেখে আশ্চর্য হয়ে যেতেন।
মথুরের বাড়িতে রমণীদের সঙ্গে ঠাকুরের সখীভাবে আচরণ
ঠাকুর এই সময়ে কখনও কখনও রানী রাসমণির জানবাজারের বাড়িতে গিয়ে শ্রীযুক্ত মথুরামোহনের পুরাঙ্গনাদের সঙ্গে বাস করতেন। অন্তঃপুরবাসিনীরা তাঁর কামগন্ধহীন চরিত্রের সঙ্গে পরিচিত ছিলেন বলে আগে থেকেই তাঁকে দেবতাসদৃশ জ্ঞান করতেন। এখন তাঁর স্ত্রীসুলভ আচার-ব্যবহারে এবং অকৃত্রিম স্নেহ ও পরিচর্যায় মুগ্ধ হয়ে তাঁরা তাঁকে নিজেদেরই একজন বলে এতটাই নিশ্চিতভাবে ধরে নিলেন যে, তাঁর সামনে লজ্জা-সংকোচের ভাব রক্ষা করতে পারতেন না।[2] ঠাকুরের শ্রীমুখে শুনেছি, সেই সময়ে শ্রীযুক্ত মথুরের মেয়েদের মধ্যে কারও স্বামী জানবাজারের বাড়িতে এলে, তিনি নিজের হাতে সেই মেয়ের চুল বেঁধে বেশভূষা পরিয়ে দিতেন, এবং স্বামীর মনোরঞ্জনের নানা উপায় তাকে শিখিয়ে দিয়ে সখীর মতো তার হাত ধরে নিয়ে গিয়ে স্বামীর পাশে রেখে আসতেন। তিনি বলতেন, “তারা তখন আমাকে তাদের সখী বলে মনে করে একটুও সংকুচিত হত না!”
রমণীবেশগ্রহণে ঠাকুরকে পুরুষ বলে চেনা দুঃসাধ্য হত
হৃদয় বলত—“ওইভাবে রমণীপরিবৃত হয়ে থাকার সময় ঠাকুরকে চট করে চিনে নেওয়া তাঁর নিত্যপরিচিত আত্মীয়দের পক্ষেও কঠিন হত। মথুরবাবু সেই সময়ে একবার আমাকে অন্তঃপুরের মধ্যে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ‘বল দেখি, ওদের মধ্যে তোমার মামা কোনটি?’ এতকাল একসঙ্গে থেকে আর রোজ সেবা-যত্ন করেও তখন আমি তাঁকে সহজে চিনতে পারিনি! মামা তখন দক্ষিণেশ্বরে থাকলে রোজ ভোরে সাজি হাতে নিয়ে বাগানে ফুল তুলতেন—আমরা সেই সময়ে বিশেষভাবে লক্ষ করেছি, চলার সময় রমণীর মতো তাঁর বাঁ পা প্রতিবার নিজে থেকেই আগে এগিয়ে যাচ্ছে। ব্রাহ্মণী বলতেন—‘তিনি যখন ওইভাবে ফুল তুলতেন, তখন তাঁকে (ঠাকুরকে) দেখে আমার সময়ে সময়ে সাক্ষাৎ শ্রীমতী রাধারানী বলে ভ্রম হয়েছে।’ ফুল তুলে বিচিত্র মালা গেঁথে তিনি এই সময়ে প্রতিদিন শ্রীশ্রীরাধাগোবিন্দজীউকে সজ্জিত করতেন, এবং কখনও কখনও শ্রীশ্রীজগদম্বাকে সেইভাবে সাজিয়ে ৺কাত্যায়নীর কাছে ব্রজগোপিকাদের মতো শ্রীকৃষ্ণকে স্বামিরূপে পাওয়ার জন্য সকরুণ প্রার্থনা করতেন।”
মধুরভাবসাধনে নিযুক্ত ঠাকুরের আচরণ ও শারীরিক বিকারসমূহ
এভাবে শ্রীশ্রীজগদম্বার সেবা-পূজাদি সম্পন্ন করে শ্রীকৃষ্ণদর্শন ও তাঁকে নিজের বল্লভরূপে পাওয়ার উদ্দেশ্যে ঠাকুর এখন অনন্যচিত্তে শ্রীশ্রীযুগলপাদপদ্মসেবায় রত হলেন, এবং সাগ্রহ প্রার্থনা ও প্রতীক্ষায় দিনের পর দিন কাটাতে লাগলেন। দিবা কিংবা রাত্রি, কোনো সময়েই তাঁর হৃদয়ে সেই আকুল প্রার্থনার বিরাম হত না, এবং দিন, পক্ষ, মাস পেরিয়ে গেলেও অবিশ্বাসপ্রসূত নৈরাশ্য এসে তাঁর হৃদয়কে সেই প্রতীক্ষা থেকে বিন্দুমাত্র বিচলিত করত না। ক্রমে সেই প্রার্থনা আকুল কান্নায় এবং সেই প্রতীক্ষা উন্মত্তের মতো উৎকণ্ঠা ও চঞ্চলতায় পরিণত হয়ে তাঁর আহারনিদ্রাদি লোপ করে দিয়েছিল। আর বিরহ? —নিতান্ত প্রিয়জনের সঙ্গে সর্বদা সর্বতোভাবে সম্মিলিত হওয়ার অসীম লালসা নানা বিঘ্নবাধায় রুদ্ধ হলে মানবের হৃদয়-মন-মথনকরী শরীরেন্দ্রিয়বিকলকরী যে অবস্থা এনে দেয়, সেই বিরহ? সেই বিরহ তাঁর মধ্যে অশেষ যন্ত্রণার নিদান মানসিক বিকাররূপে কেবলমাত্র প্রকাশ পেয়েই উপশান্ত হয়নি, সাধনকালের পূর্বাবস্থায় অনুভূত নিদারুণ শারীরিক উত্তাপ ও জ্বালারূপেও পুনরায় আবির্ভূত হয়েছিল। ঠাকুরের শ্রীমুখে শুনেছি—শ্রীকৃষ্ণবিরহের প্রবল প্রভাবে তখন তাঁর শরীরের লোমকূপ দিয়ে সময়ে সময়ে বিন্দু বিন্দু রক্ত বেরোত, দেহের গ্রন্থিগুলি ভগ্নপ্রায় শিথিল দেখাত, এবং হৃদয়ের অসীম যন্ত্রণায় ইন্দ্রিয়গুলি নিজ নিজ কাজ থেকে একেবারে বিরত হয়ে যেত বলে দেহ কখনও কখনও মৃতের মতো নিশ্চেষ্ট ও সংজ্ঞাশূন্য হয়ে পড়ে থাকত।
ঠাকুরের অতীন্দ্রিয় প্রেমের সঙ্গে আমাদের এ বিষয়ের ধারণার তুলনা
দেহের সঙ্গে নিত্যসম্বদ্ধ মানুষ আমরা প্রেম বলতে এক দেহের প্রতি অন্য দেহের আকর্ষণই বুঝি। অথবা বহু চেষ্টার ফলে স্থূল দেহবুদ্ধি থেকে সামান্য একটু ঊর্ধ্বে উঠে যদি প্রেমকে কোনো বিশেষ দেহের আশ্রয়ে প্রকাশিত গুণসমষ্টির প্রতি আকর্ষণ বলে অনুভব করি, তবে তাকে ‘অতীন্দ্রিয় প্রেম’ আখ্যা দিয়ে তার কত যশোগান করি। কিন্তু কবিকুলবন্দিত আমাদের ওই অতীন্দ্রিয় প্রেম যে স্থূল দেহবুদ্ধি ও সূক্ষ্ম ভোগলালসা থেকে মুক্ত নয়, এ কথা বুঝতে বিলম্ব হয় না। ঠাকুরের জীবনে প্রকাশিত যথার্থ অতীন্দ্রিয় প্রেমের তুলনায় তা কী তুচ্ছ, হেয় ও অন্তঃসারশূন্য বলে প্রতীয়মান হয়!
শ্রীমতীর প্রেম সম্বন্ধে ভক্তিশাস্ত্রের কথা
ভক্তিগ্রন্থগুলিতে লেখা আছে, ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীই কেবলমাত্র যথার্থ অতীন্দ্রিয় প্রেমের পরাকাষ্ঠা জীবনে প্রত্যক্ষ করে তার পূর্ণ আদর্শ জগতে রেখে গেছেন। লজ্জা ঘৃণা ভয় ছেড়ে, লোকভয় সমাজভয় পরিত্যাগ করে, জাতি কুল শীল পদমর্যাদা ও নিজের দেহ-মনের ভোগসুখের কথা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সুখেই কেবলমাত্র নিজেকে সুখী অনুভব করার ক্ষেত্রে তাঁর মতো দ্বিতীয় দৃষ্টান্তস্থল ভক্তিশাস্ত্রে পাওয়া যায় না। শাস্ত্র সেজন্য বলেন, শ্রীমতী রাধারানীর কৃপাকটাক্ষ ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের দর্শনলাভ জগতে কখনও সম্ভবপর নয়, কারণ সচ্চিদানন্দঘনবিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর প্রেমে চিরকাল সর্বতোভাবে আবদ্ধ থেকে তাঁরই ইঙ্গিতে ভক্তদের মনোভিলাষ পূর্ণ করছেন। বোঝা যায়, ভক্তিশাস্ত্রের সেই কথার অভিপ্রায় এই যে, শ্রীমতীর কামগন্ধহীন প্রেমের অনুরূপ বা সেই জাতীয় প্রেম লাভ না হলে কেউ কখনও ঈশ্বরকে পতিভাবে লাভ করতে এবং মধুরভাবে পূর্ণ মাধুর্য উপলব্ধি করতে পারবে না।
শ্রীমতীর অতীন্দ্রিয় প্রেমের কথা বোঝানোর জন্য শ্রীগৌরাঙ্গদেবের আগমন
ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর প্রেমের দিব্য মহিমা, মায়ারহিতবিগ্রহ পরমহংসাগ্রণী শ্রীশুকদেবপ্রমুখ আত্মারাম মুনিদের মুখে বহুবার গীত হলেও, ভারতের জনসাধারণ সেই প্রেম কীভাবে জীবনে উপলব্ধি করতে হবে, তা বহুকাল পর্যন্ত বুঝতে পারেনি। গৌড়ীয় গোস্বামিপাদেরা বলেন, তা বোঝানোর জন্য শ্রীভগবানকে শ্রীমতীর সঙ্গে মিলিত হয়ে একাধারে বা এক শরীর অবলম্বন করে পুনরায় অবতীর্ণ হতে হয়েছিল। অন্তঃকৃষ্ণ বহির্গৌররূপে প্রকাশিত শ্রীগৌরাঙ্গদেবই মধুরভাবের প্রেমাদর্শ প্রতিষ্ঠা করতে আবির্ভূত শ্রীভগবানের সেই অপূর্ব বিগ্রহ। শ্রীকৃষ্ণপ্রেমে রাধারানীর শরীরমনে যেসব লক্ষণ প্রকাশ পেত, শ্রীগৌরাঙ্গদেব পুংশরীরধারী হলেও তাঁর মধ্যে ঈশ্বরপ্রেমের প্রাবল্যে সেই সমস্ত লক্ষণ আবির্ভূত হতে দেখেই গোস্বামীরা তাঁকে শ্রীমতী বলে নির্দেশ করেছিলেন। অতএব শ্রীগৌরাঙ্গদেব যে অতীন্দ্রিয় প্রেমাদর্শের দ্বিতীয় দৃষ্টান্তস্থল, তা বোঝা যায়।
ঠাকুরের শ্রীমতী রাধিকার উপাসনা ও দর্শনলাভ
শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া শ্রীকৃষ্ণদর্শন অসম্ভব জেনে ঠাকুর এখন তদ্গতচিত্তে তাঁর উপাসনা শুরু করলেন, এবং তাঁর প্রেমঘনমূর্তির স্মরণ, মনন ও ধ্যানে নিরন্তর মগ্ন হয়ে তাঁর শ্রীপাদপদ্মে হৃদয়ের আকুল আবেগ অবিরাম নিবেদন করতে লাগলেন। ফলে, অচিরেই তিনি শ্রীমতী রাধারানীর দর্শন পেয়ে কৃতার্থ হলেন। অন্যান্য দেবদেবীর দর্শনকালে ঠাকুর আগে যেমন প্রত্যক্ষ করেছিলেন, এই দর্শনকালেও তেমনই অনুভব করলেন যে, সেই মূর্তি তাঁর নিজের অঙ্গে সম্মিলিত হয়ে গেল। তিনি বলতেন, “শ্রীকৃষ্ণপ্রেমে সর্বস্বহারা সেই নিরুপম পবিত্রোজ্জ্বল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব। শ্রীমতীর অঙ্গকান্তি নাগকেশর ফুলের কেশরগুলির মতো গৌরবর্ণ দেখেছিলাম।”
ঠাকুরের নিজেকে শ্রীমতী বলে অনুভব ও তার কারণ
সেই দর্শনের পর থেকে ঠাকুর কিছুকালের জন্য নিজেকে শ্রীমতী বলে নিরন্তর উপলব্ধি করেছিলেন। শ্রীমতী রাধারানীর শ্রীমূর্তি ও চরিত্রের গভীর অনুধ্যানে নিজের পৃথক অস্তিত্বের বোধ একেবারে হারিয়ে ফেলেছিলেন বলেই তাঁর এই অবস্থা হয়েছিল। সুতরাং এ কথা নিশ্চয় বলা যায় যে, তাঁর মধুরভাব থেকে উৎপন্ন ঈশ্বরপ্রেম এখন পরিবর্ধিত হয়ে শ্রীমতী রাধারানীর প্রেমানুরূপ সুগভীর হয়ে দাঁড়াল। ফলেও তা-ই দেখা গিয়েছিল। কারণ সেই দর্শনের পর থেকে শ্রীমতী রাধারানী ও শ্রীগৌরাঙ্গদেবের মতো তাঁর মধ্যেও মধুরভাবের পরাকাষ্ঠাপ্রসূত মহাভাবের সর্বপ্রকার লক্ষণ প্রকাশ পেয়েছিল। গোস্বামিপাদদের গ্রন্থে মহাভাবে প্রকাশিত শারীরিক লক্ষণগুলির কথা লিপিবদ্ধ আছে। বৈষ্ণবতন্ত্রনিপুণা ভৈরবী ব্রাহ্মণী এবং পরে বৈষ্ণবচরণ প্রভৃতি শাস্ত্রজ্ঞ সাধকেরা ঠাকুরের শ্রীঅঙ্গে মহাভাবের প্রেরণায় সেই সব লক্ষণের আবির্ভাব দেখে স্তম্ভিত হয়ে তাঁকে হৃদয়ের শ্রদ্ধা ও পূজা অর্পণ করেছিলেন। মহাভাবের প্রসঙ্গে ঠাকুর আমাদের বহুবার বলেছিলেন—“উনিশ প্রকারের ভাব একাধারে প্রকাশিত হলে তাকে মহাভাব বলে, এ কথা ভক্তিশাস্ত্রে আছে। সাধন করে এক-একটা ভাবে সিদ্ধ হতেই লোকের জীবন কেটে যায়! (নিজের শরীর দেখিয়ে) এখানে একাধারে একসঙ্গে ওইরকম উনিশটি ভাবের পূর্ণ প্রকাশ।”[3]
প্রকৃতিভাবে ঠাকুরের শরীরের অদ্ভুত পরিবর্তন
শ্রীকৃষ্ণবিরহের দারুণ যন্ত্রণায় ঠাকুরের শরীরের প্রতিটি লোমকূপ থেকে রক্তনির্গমনের কথা আমরা আগে উল্লেখ করেছি—তা মহাভাবের পরাকাষ্ঠায় এই সময়েই ঘটেছিল। প্রকৃতি ভাবতে ভাবতে তিনি তখন এত তন্ময় হয়ে গিয়েছিলেন যে, স্বপ্নে বা ভুল করেও কখনও নিজেকে পুরুষ বলে ভাবতে পারতেন না, এবং তাঁর শরীর ও ইন্দ্রিয় নিজে থেকেই স্ত্রীশরীরের মতো কার্যকলাপ করত! আমরা তাঁর নিজের মুখে শুনেছি—এই সময়ে তাঁর স্বাধিষ্ঠানচক্রের অবস্থান-প্রদেশের রোমকূপগুলি থেকে প্রতি মাসে নিয়মিত সময়ে বিন্দু বিন্দু শোণিত-নির্গমন হত, এবং স্ত্রীশরীরের মতো প্রতিবারই উপর্যুপরি তিন দিন এরকম হত! তাঁর ভাগনে হৃদয়রাম আমাদের বলেছেন—তিনি তা স্বচক্ষে দেখেছেন, এবং তার জন্য পরনের কাপড় দূষিত হওয়ার আশঙ্কায় ঠাকুরকে তখন কৌপীন ব্যবহার করতেও দেখেছেন!
মানসিক ভাবের প্রাবল্যে তাঁর এইরকম শারীরিক পরিবর্তন দেখে বোঝা যায়, ‘মন সৃষ্টি করে এ শরীর’
বেদান্তশাস্ত্রের শিক্ষা—মানবের মন তার শরীরকে বর্তমান আকারে পরিণত করেছে—‘মন সৃষ্টি করে এ শরীর’—এবং তীব্র ইচ্ছা বা বাসনার সাহায্যে তার জীবনের প্রতি মুহূর্তে সেই শরীরকে ভেঙে-চুরে নতুনভাবে গঠন করছে। শরীরের উপর মনের এমন প্রভুত্বের কথা শুনলে আমরা তা বুঝতে ও ধারণা করতে পারি না। কারণ যেরকম তীব্র বাসনা জাগলে মন অন্য সব বিষয় থেকে প্রত্যাবৃত্ত হয়ে কোনো বিশেষ বিষয়ে কেন্দ্রীভূত হয় এবং অপূর্ব শক্তি প্রকাশ করে, সেরকম তীব্র বাসনা আমরা কোনো বিষয় লাভ করার জন্যই অনুভব করি না। বলা বাহুল্য, কোনো বিশেষ বিষয় উপলব্ধি করার তীব্র বাসনায় ঠাকুরের শরীর যে অল্প সময়ে এভাবে পরিবর্তিত হয়েছিল, তাতে বেদান্তের সেই কথা সবিশেষ প্রমাণিত হচ্ছে। পদ্মলোচন প্রভৃতি প্রসিদ্ধ পণ্ডিতেরা ঠাকুরের আধ্যাত্মিক উপলব্ধিগুলির কথা শুনে বেদপুরাণাদিতে লিপিবদ্ধ পূর্ব পূর্ব যুগের সিদ্ধ ঋষিকুলের উপলব্ধির সঙ্গে মেলাতে গিয়ে বলেছিলেন, “আপনার উপলব্ধিগুলি বেদপুরাণকে অতিক্রম করে বহুদূর অগ্রসর হয়েছে!” মানসিক ভাবের প্রাবল্যে ঠাকুরের শারীরিক পরিবর্তনগুলি পর্যালোচনা করলে তেমনই স্তম্ভিত হয়ে বলতে হয়—তাঁর শারীরিক বিকারসমূহ শারীরিক জ্ঞানরাজ্যের সীমা অতিক্রম করে সেই রাজ্যে অপূর্ব যুগান্তর ঘটানোর সূচনা করেছে।
ঠাকুরের ভগবান শ্রীকৃষ্ণের দর্শনলাভ
সে যা হোক, পতিভাবে ঠাকুরের ঈশ্বরপ্রেম এখন পরিশুদ্ধ ও ঘনীভূত হল বলেই তিনি ওইভাবে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর কৃপা অনুভব করলেন, এবং সেই প্রেমের প্রভাবে অল্পদিন পরেই সচ্চিদানন্দ-ঘন-বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের পুণ্যদর্শন লাভ করলেন। যে মূর্তি দেখেছিলেন, সেটি অন্য সব মূর্তির মতো তাঁর শ্রীঅঙ্গে মিশে গিয়েছিল। সেই দর্শনলাভের দুই-তিন মাস পরে পরমহংস শ্রীমৎ তোতাপুরী এসে তাঁকে বেদান্তপ্রসিদ্ধ অদ্বৈতভাবসাধনায় নিযুক্ত করেছিলেন। অতএব বোঝা যাচ্ছে, মধুরভাবসাধনায় সিদ্ধ হয়ে ঠাকুর কিছুকাল সেই ভাবের সাহায্যে ঈশ্বরসম্ভোগে কালযাপন করেছিলেন। তাঁর শ্রীমুখে শুনেছি—সেই সময়ে শ্রীকৃষ্ণচিন্তায় একেবারে তন্ময় হয়ে তিনি নিজের পৃথক অস্তিত্ববোধ হারিয়ে কখনও নিজেকে ভগবান শ্রীকৃষ্ণ বলে বোধ করতেন, আবার কখনও আব্রহ্মস্তম্ব পর্যন্ত সবাইকে শ্রীকৃষ্ণবিগ্রহ বলে দর্শন করতেন। দক্ষিণেশ্বরে তাঁর কাছে যখন আমরা যাতায়াত করছি, তখন তিনি একদিন বাগান থেকে একটি ঘাসফুল সংগ্রহ করে হর্ষোৎফুল্ল মুখে আমাদের কাছে এসে বলেছিলেন, “তখন তখন (মধুরভাব-সাধনকালে) যে কৃষ্ণমূর্তি দেখতাম, তাঁর অঙ্গের এইরকম রং ছিল।”
যৌবনের প্রারম্ভে ঠাকুরের মনে প্রকৃতি হওয়ার বাসনা
অন্তরের প্রকৃতিভাবের প্রেরণায় যৌবনের প্রারম্ভে ঠাকুরের মনে এক ধরনের বাসনা জাগত। ব্রজগোপীরা স্ত্রীশরীর নিয়ে জন্মগ্রহণ করে প্রেমে সচ্চিদানন্দবিগ্রহ শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন জেনে ঠাকুর ভাবতেন, তিনি যদি স্ত্রীশরীর নিয়ে জন্মগ্রহণ করতেন, তাহলে গোপিকাদের মতো শ্রীকৃষ্ণকে ভজনা ও লাভ করে ধন্য হতেন। এভাবে নিজের পুরুষশরীরকে শ্রীকৃষ্ণলাভের পথের অন্তরায় বলে মনে করে তিনি তখন কল্পনা করতেন যে, যদি আবার ভবিষ্যতে জন্মগ্রহণ করতে হয়, তবে ব্রাহ্মণের ঘরের পরমাসুন্দরী দীর্ঘকেশী বালবিধবা হবেন, এবং শ্রীকৃষ্ণ ছাড়া আর কাউকে পতি বলে জানবেন না। মোটা ভাত-কাপড়ের মতো কিছু সংস্থান থাকবে, কুঁড়েঘরের পাশে দু-এক কাঠা জমি থাকবে—যাতে নিজের হাতে দু-পাঁচ রকম শাকসবজি ফলাতে পারবেন, আর তার সঙ্গে একজন বৃদ্ধা অভিভাবিকা, একটি গাই—যাকে তিনি স্বহস্তে দুইতে পারবেন, আর একখানি সুতো কাটার চরকা থাকবে। বালকের কল্পনা আরও এগিয়ে গিয়ে ভাবত, দিনের বেলা ঘরের কাজ সেরে সেই চরকায় সুতো কাটতে কাটতে শ্রীকৃষ্ণের গান গাইবে, আর সন্ধ্যার পর সেই গাইয়ের দুধে তৈরি মোদক প্রভৃতি নিয়ে শ্রীকৃষ্ণকে স্বহস্তে খাওয়াবার জন্য গোপনে ব্যাকুল হয়ে কাঁদতে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণও তা দেখে প্রসন্ন হয়ে গোপবালকের বেশে সহসা এসে সেগুলি গ্রহণ করবেন, এবং অন্যের অগোচরে এভাবে তাঁর কাছে রোজ যাতায়াত করতে থাকবেন। ঠাকুরের মনের সেই বাসনা ওইভাবে পূর্ণ না হলেও, মধুরভাব-সাধনকালে পূর্বোক্ত প্রকারে সিদ্ধ হয়েছিল।
‘ভাগবত, ভক্ত, ভগবান—তিন এক, এক তিন’-রূপ দর্শন
মধুরভাবে অবস্থানকালে ঠাকুরের আর একটি দর্শনের কথা এখানে লিপিবদ্ধ করে আমরা বর্তমান বিষয়ের উপসংহার করব। সেই সময়ে বিষ্ণুমন্দিরের সামনের দালানে বসে তিনি একদিন শ্রীমদ্ভাগবত পাঠ শুনছিলেন। শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির দর্শন লাভ করলেন। তারপর দেখতে পেলেন, সেই মূর্তির পাদপদ্ম থেকে দড়ার মতো একটা জ্যোতি বেরিয়ে প্রথমে ভাগবতগ্রন্থকে স্পর্শ করল, এবং পরে তাঁর নিজের বক্ষঃস্থলে সংলগ্ন হয়ে সেই তিন বস্তুকে কিছুকাল একসঙ্গে সংযুক্ত করে রাখল।
ঠাকুর বলতেন—এই দর্শনের ফলে তাঁর মনে দৃঢ় ধারণা হয়েছিল যে, ভাগবত, ভক্ত ও ভগবান তিন প্রকার ভিন্ন রূপে প্রকাশিত হলেও এক পদার্থ, বা এক পদার্থের প্রকাশসম্ভূত। “ভাগবত (শাস্ত্র), ভক্ত ও ভগবান—তিনে এক, একে তিন!”
[1] মুণ্ডকোপনিষদ, ৩।২।৪ – সন্ন্যাসের লিঙ্গ বা চিহ্ন (যেমন, গৈরিকাদি) ধারণ না করে কেবলমাত্র তপস্যা দ্বারা আত্মদর্শন হয় না।
[2] গুরুভাব – পূর্বার্ধ, ৭ম অধ্যায়।
[3] শ্রীজীব গোস্বামী প্রভৃতি বৈষ্ণবাচার্যেরা রাগাত্মিকা ভক্তির নিম্নলিখিত বিভাগ নির্দেশ করেছেন –
মহাভাবে কামাত্মিকা এবং সম্বন্ধাত্মিকা, উভয় প্রকার ভক্তির যে উনিশ প্রকার অন্তর্ভাবের কথা আগে বলা হয়েছে, সেগুলির একসঙ্গে সমাবেশ হয়। ঠাকুর এখানে তা-ই বলেছেন।
ঠাকুরের এই সময়ের মানসিক অবস্থার আলোচনা:
(১) কামকাঞ্চনত্যাগে দৃঢ়প্রতিষ্ঠা
মধুরভাবসাধনে সিদ্ধ হয়ে ঠাকুর এখন ভাবসাধনের চরম ভূমিতে উপস্থিত হলেন। অতএব তাঁর অপূর্ব সাধনকথা এরপর লিপিবদ্ধ করার আগে, তাঁর এই সময়ের মানসিক অবস্থার কথা একবার আলোচনা করা ভালো।
আমরা দেখেছি, কোনো ভাবসাধনে সিদ্ধ হতে হলে সাধককে সংসারের রূপরসাদি ভোগ্যবিষয় দূর থেকেই পরিহার করে সেই সাধনের অনুষ্ঠান করতে হবে। সিদ্ধভক্ত তুলসীদাস যে বলেছেন, “যাঁহা রাম তাঁহা কাম[1] নেহি”[2]—এ কথা বাস্তবিকই সত্য। ঠাকুরের অদৃষ্টপূর্ব সাধনেতিহাস এ বিষয়ে সম্পূর্ণ সাক্ষ্য দেয়। কামকাঞ্চনত্যাগ-রূপ ভিত্তির উপর দৃঢ়প্রতিষ্ঠিত হয়েই তিনি ভাবসাধনে অগ্রসর হয়েছিলেন, এবং সেই ভিত্তি কখনও তিলমাত্র পরিত্যাগ করেননি বলে তিনি যখন যে ভাবসাধনে নিযুক্ত হয়েছিলেন, অতি অল্প সময়েই তা নিজের জীবনে আয়ত্ত করতে পেরেছিলেন। অতএব এ কথা স্পষ্ট বোঝা যায় যে, কামকাঞ্চনের প্রলোভন-ভূমির সীমা বহুদূর পিছনে রেখে তাঁর মন তখন নিরন্তর অবস্থান করত।
(২) নিত্যানিত্যবস্তুবিবেক ও ইহামুত্রফলভোগে বিরাগ
বিষয়কামনা ত্যাগ করে নয় বছর নিরন্তর ঈশ্বরলাভে সচেষ্ট থাকায় অভ্যাসযোগে তাঁর মন এখন এমন এক অবস্থায় উপনীত হল যে, ঈশ্বর ছাড়া অন্য কোনো বিষয়ের স্মরণ-মনন করা তার কাছে বিষের মতো মনে হত। কায়মনোবাক্যে ঈশ্বরকেই সারাৎসার পরাৎপর বস্তু বলে সর্বতোভাবে ধারণা করার ফলে তাঁর মন ইহকালে বা পরকালে ঈশ্বর ছাড়া অন্য কোনো বস্তুলাভে একেবারে উদাসীন ও স্পৃহাশূন্য হয়েছিল।
(৩) শমদমাদি ষট্ সম্পত্তি ও মুমুক্ষুত্ব
রূপরসাদি বাহ্যবিষয়গুলি এবং শরীরের সুখদুঃখাদি বিস্মৃত হয়ে অভীষ্ট বিষয়ের একাগ্র ধ্যানে তাঁর মন এখন এত অভ্যস্ত হয়ে উঠল যে, সামান্য আয়াসেই তা সম্পূর্ণভাবে সমাহৃত হত এবং লক্ষ্য বিষয়ে তন্ময় হয়ে আনন্দানুভব করত। দিন, মাস ও বছর একে একে কেটে গেলেও মনের সেই আনন্দের কিছুমাত্র বিরাম হত না, এবং ঈশ্বর ছাড়া জগতে অন্য কোনো লব্ধব্য বস্তু আছে বা থাকতে পারে, এ চিন্তা ক্ষণেকের জন্যও তাঁর মনে জাগত না।
(৪) ঈশ্বরনির্ভরতা ও দর্শনজন্য ভয়শূন্যতা
পরিশেষে, ঠাকুরের মনে জগৎকারণের প্রতি ‘গতির্ভর্তা প্রভুঃ সাক্ষী নিবাসঃ শরণং সুহৃৎ’ বলে একান্ত অনুরাগ, বিশ্বাস ও নির্ভরতার এখন সীমা ছিল না। সেগুলির সাহায্যে তিনি যে এখন নিজেকে তাঁর সঙ্গে সপ্রেম সম্বন্ধে কেবল নিত্যযুক্ত দেখতেন তা নয়, মায়ের প্রতি বালকের মতো ঈশ্বরের প্রতি একান্ত অনুরাগে সাধক যে তাঁকে সর্বদা নিজের কাছে দেখতে পায়, তাঁর মধুর বাণী সর্বদা শুনে কৃতকৃতার্থ হয় এবং তাঁর প্রবল হাতে রক্ষিত হয়ে সংসারপথে সতত নির্ভয়ে বিচরণ করতে পারে—এ কথার বহুবার প্রমাণ পেয়ে তাঁর মনও জীবনের ছোট-বড় সব কাজ শ্রীশ্রীজগদম্বার আদেশে ও ইঙ্গিতে নির্ভয়ে করতে এখন সম্পূর্ণভাবে অভ্যস্ত হয়ে উঠল।
ঈশ্বরদর্শনের পরেও ঠাকুর কেন সাধন করেছিলেন, সে বিষয়ে তাঁর কথা
প্রশ্ন উঠতে পারে—জগৎকারণকে এভাবে স্নেহময়ী মায়ের মতো সর্বদা নিজের কাছে পেয়ে ঠাকুর আবার সাধনপথে নিযুক্ত হয়েছিলেন কেন? যাঁকে লাভ করার জন্য সাধকের যোগ-তপস্যাদি সাধনের অনুষ্ঠান, তাঁকেই যদি পরম আত্মীয়রূপে পেলাম, তবে আবার সাধন কিসের জন্য? এ কথার উত্তর আমরা আগে একভাবে দিলেও, সে সম্বন্ধে এখন আর-একভাবে দু-চারটি কথা বলব। ঠাকুরের শ্রীপদপ্রান্তে বসে তাঁর সাধনেতিহাস শুনতে শুনতে একদিন আমাদের মনে এইরকম প্রশ্ন উঠেছিল, এবং তা প্রকাশ করতেও আমরা সংকুচিত হইনি। তার উত্তরে তিনি তখন আমাদের যা বলেছিলেন, তা-ই এখানে বলব। ঠাকুর বলেছিলেন, “সমুদ্রের তীরে যে ব্যক্তি সর্বদা বাস করে, তার মনে যেমন কখনও কখনও বাসনা জাগে—রত্নাকরের গর্ভে কত রকম রত্ন আছে তা দেখি, তেমনি মাকে পেয়ে এবং মার কাছে সর্বদা থেকেও আমার তখন মনে হত, অনন্তভাবময়ী অনন্তরূপিণী তাঁকে নানাভাবে ও নানারূপে দেখব। বিশেষ কোনো ভাবে তাঁকে দেখতে ইচ্ছা হলে তার জন্য তাঁকে ব্যাকুল হয়ে ধরতাম। কৃপাময়ী মা-ও তখন তাঁর ওই ভাব দেখতে বা উপলব্ধি করতে যা কিছু প্রয়োজন, তা জুগিয়ে এবং আমাকে দিয়ে করিয়ে নিয়ে সেই ভাবে দেখা দিতেন। এভাবেই ভিন্ন ভিন্ন মতের সাধন করা হয়েছিল।”
আগে বলেছি, মধুরভাবে সিদ্ধ হয়ে ঠাকুর ভাবসাধনের চরম ভূমিতে উপনীত হয়েছিলেন। তার পরেই ঠাকুরের মনে সর্বভাবাতীত বেদান্তপ্রসিদ্ধ অদ্বৈতভাবসাধনের প্রবল প্রেরণা এল। শ্রীশ্রীজগদম্বার ইঙ্গিতে সেই প্রেরণা তাঁর জীবনে কীভাবে এসেছিল এবং কীভাবেই বা তিনি তখন শ্রীশ্রীজগন্মাতার নির্গুণ নিরাকার নির্বিকল্প তুরীয় রূপের সাক্ষাৎ উপলব্ধি করেছিলেন, তা-ই এখন আমরা পাঠককে বলতে শুরু করব।
ঠাকুরের জননীর গঙ্গাতীরে বাস করার সংকল্প এবং দক্ষিণেশ্বরে আগমন
ঠাকুর যখন অদ্বৈতভাবসাধন শুরু করেন, তখন তাঁর বৃদ্ধা মা দক্ষিণেশ্বর কালীবাড়িতে বাস করছেন। বড় ছেলে রামকুমারের মৃত্যু হলে, শোকসন্তপ্ত বৃদ্ধা অন্য দুটি ছেলের মুখ চেয়ে কোনোরকমে বুক বেঁধে ছিলেন। কিন্তু অল্পদিন পরে তাঁর ছোট ছেলে গদাধর পাগল হয়ে গেছে বলে লোকে যখন রটাতে লাগল, তখন তাঁর দুঃখের আর অবধি রইল না। ছেলেকে বাড়িতে আনিয়ে নানা চিকিৎসা ও শান্তিস্বস্ত্যয়নাদির অনুষ্ঠানে তাঁর সেই ভাবের যখন কিছুটা উপশম হল, তখন বৃদ্ধা আবার আশায় বুক বেঁধে তাঁর বিয়ে দিলেন। কিন্তু বিয়ে করে দক্ষিণেশ্বরে ফিরে আসার পর গদাধরের সেই অবস্থা আবার যখন দেখা দিল, তখন বৃদ্ধা আর নিজেকে সামলাতে পারলেন না—ছেলের আরোগ্যকামনায় হত্যা দিয়ে পড়ে রইলেন। পরে মহাদেবের প্রত্যাদেশে ছেলের দিব্যোন্মাদ হয়েছে জেনে তিনি কিছুটা আশ্বস্ত হলেও, তার অল্পদিন পরে সংসারে বীতরাগ হয়ে দক্ষিণেশ্বরে ছেলের কাছে চলে এলেন এবং জীবনের বাকি দিনগুলি ভাগীরথীতীরে কাটাবেন বলে দৃঢ়সংকল্প করলেন। কারণ, যাদের জন্য এবং যাদের নিয়ে তাঁর সংসার করা, তারাই যদি একে একে সংসার ও তাঁকে ছেড়ে চলে গেল, তবে বৃদ্ধ বয়সে তাঁর আর তাতে লিপ্ত থাকার প্রয়োজন কী? শ্রীযুত মথুরের অন্নমেরু-অনুষ্ঠানের কথা আমরা ইতিপূর্বে পাঠককে বলেছি। ঠাকুরের মা সেই সময়ে দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিলেন, এবং তখন থেকে বারো বছর পরে তাঁর শরীরত্যাগ পর্যন্ত তিনি আর কামারপুকুরে ফিরে যাননি। অতএব জটাধারী বাবাজীর কাছ থেকে ঠাকুরের ‘রাম’-মন্ত্রে দীক্ষাগ্রহণ এবং মধুরভাব ও বেদান্তভাব প্রভৃতির সাধন যে তাঁর মায়ের দক্ষিণেশ্বরে থাকার সময়ে হয়েছিল, সে বিষয়ে সন্দেহ নেই।
ঠাকুরের জননীর লোভরাহিত্য
ঠাকুরের মায়ের উদার হৃদয়ের পরিচায়ক একটি ঘটনা আমরা পাঠককে এখানে বলতে চাই। ঘটনাটি তাঁর দক্ষিণেশ্বরে আসার অল্পদিন পরেই ঘটেছিল। আগে বলেছি, সেই সময়ে কালীবাড়িতে মথুরবাবুর অক্ষুণ্ণ প্রভাব ছিল এবং তিনি মুক্তহস্তে নানা সৎকার্যের অনুষ্ঠান ও প্রভূত অন্নদান করছিলেন। ঠাকুরের প্রতি তাঁর ভালোবাসা ও ভক্তির অবধি ছিল না বলে, ঠাকুরের শারীরিক সেবায় যাতে কোনোদিন ত্রুটি না হয়, তার বন্দোবস্ত করে দেওয়ার জন্য তিনি ভিতরে ভিতরে সর্বদা সচেষ্ট ছিলেন; কিন্তু ঠাকুরের কঠোর ত্যাগশীলতা দেখে তাঁকে সে কথা মুখ ফুটে বলতে এ পর্যন্ত সাহস পাননি। ঠাকুরের কানে যায়, এমন জায়গায় দাঁড়িয়ে তিনি আগে একদিন হৃদয়ের সঙ্গে ঠাকুরের নামে একটি তালুক লেখাপড়া করে দেওয়ার পরামর্শ করতে গিয়ে বিষম বিপদে পড়েছিলেন। কারণ, সে কথা শোনামাত্র ঠাকুর উন্মত্তপ্রায় হয়ে ‘শালা, তুই আমাকে বিষয়ী করতে চাস’ বলে তাঁকে মারতে ছুটে গিয়েছিলেন। সুতরাং নিজের অভিপ্রায়টি মনে জেগে থাকলেও মথুর তা পূর্ণ করার কোনো সুযোগ পাননি। ঠাকুরের মা আসায় তিনি এখন সুযোগ বুঝে বৃদ্ধা চন্দ্রাদেবীকে ঠাকুরমা বলে ডেকে আপ্যায়িত করলেন, এবং প্রতিদিন তাঁর কাছে গিয়ে তাঁর সঙ্গে নানা কথা আলোচনা করতে করতে ক্রমে ক্রমে তাঁর বিশেষ স্নেহের পাত্র হয়ে উঠলেন। পরে সময় বুঝে একদিন তাঁকে ধরে বসলেন—“ঠাকুরমা, তুমি তো আমার কাছ থেকে কখনও কিছু সেবা নিলে না। তুমি যদি সত্যিই আমাকে নিজের বলে ভাবো, তাহলে আমার কাছ থেকে তোমার যা ইচ্ছা চেয়ে নাও।” সরলহৃদয়া বৃদ্ধা মথুরের এমন কথায় বিশেষ মুশকিলে পড়লেন। কারণ, ভেবেচিন্তেও কোনো কিছুর অভাব অনুভব করলেন না। তাই কী চেয়ে নেবেন, তা ঠিক করে উঠতে পারলেন না। অগত্যা তাঁকে বলতে হল—“বাবা, তোমার কল্যাণে আমার তো এখন কোনো কিছুর অভাব নেই, যখন কোনো জিনিসের দরকার বুঝব, তখন চেয়ে নেব।” এই বলে বৃদ্ধা নিজের পেঁটরা খুলে মথুরকে বললেন—“দেখবে, এই দেখো, আমার এত পরবার কাপড় রয়েছে! আর তোমার কল্যাণে এখানে খাবার তো কোনো কষ্টই নেই, সব বন্দোবস্তই তো তুমি করে দিয়েছ ও দিচ্ছ; তবে আর কী চাই, বলো?” মথুর কিন্তু ছাড়বার পাত্র নন, ‘যা ইচ্ছা কিছু নাও’ বলে বারবার অনুরোধ করতে লাগলেন। তখন ঠাকুরের জননীর একটি অভাবের কথা মনে পড়ল; তিনি হাসতে হাসতে বললেন—“যদি নেহাত দেবে, তবে আমার এখন মুখে দেবার গুলের অভাব, এক আনার দোক্তা তামাক কিনে দাও।” সে কথায় বিষয়ী মথুরের চোখে জল এল। তিনি তাঁকে প্রণাম করে বললেন—“এমন মা না হলে কি অমন ত্যাগশীল ছেলে হয়!” এই বলে বৃদ্ধার অভিপ্রায়মতো দোক্তা তামাক আনিয়ে দিলেন।
হলধারীর কর্মত্যাগ ও অক্ষয়ের আগমন
ঠাকুর যখন বেদান্তসাধন শুরু করেন, তখন তাঁর খুড়তুতো ভাই হলধারী দক্ষিণেশ্বর-দেবালয়ে শ্রীশ্রীরাধাগোবিন্দজীউর সেবায় নিযুক্ত ছিলেন। বয়োজ্যেষ্ঠ ছিলেন বলে এবং ভাগবতাদি গ্রন্থে তাঁর সামান্য ব্যুৎপত্তি ছিল বলে তিনি অহংকারের বশবর্তী হয়ে কখনও কখনও ঠাকুরকে কীভাবে শ্লেষ করতেন এবং তাঁর আধ্যাত্মিক দর্শন ও অবস্থাগুলিকে মস্তিষ্কের বিকারপ্রসূত বলে সিদ্ধান্ত করতেন, আর ঠাকুর তাতে ক্ষুণ্ণ হয়ে শ্রীশ্রীজগদম্বাকে সে কথা নিবেদন করে কীভাবে বারংবার আশ্বস্ত হতেন—সে সব কথা আমরা ইতিপূর্বে পাঠককে বলেছি। হলধারীর তীব্র শ্লেষপূর্ণ কথায় এক সময়ে বিষণ্ণ হয়ে তিনি ভাবাবেশে এক সৌম্য মূর্তির দর্শন ও ‘ভাবমুখে থাক’—এই প্রত্যাদেশ লাভ করেছিলেন। বোধ হয়, সেই দর্শন ঠাকুরের বেদান্তসাধনে নিযুক্ত হওয়ার কিছু আগে ঘটেছিল, এবং মধুরভাবসাধনের সময় তাঁকে স্ত্রীবেশ ধারণ করে রমণীর মতো থাকতে দেখেই হলধারী তাঁকে আত্মজ্ঞানবিহীন বলে ভর্ৎসনা করেছিলেন। পরমহংস পরিব্রাজক শ্রীমদাচার্য তোতাপুরীর দক্ষিণেশ্বরে আগমন ও অবস্থানের সময় হলধারী কালীবাড়িতে ছিলেন এবং সময়ে সময়ে তাঁর সঙ্গে একত্রে শাস্ত্রচর্চা করতেন, এ কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনেছি। শ্রীমৎ তোতা ও হলধারী যখন এভাবে অধ্যাত্মরামায়ণ-চর্চা করতেন, সেই সময়ে ঠাকুর একদিন জায়া ও অনুজ লক্ষ্মণ-সহ ভগবান শ্রীরামচন্দ্রের দিব্যদর্শন লাভ করেছিলেন। শ্রীমৎ তোতা সম্ভবত সন ১২৭১ সালের শেষভাগে দক্ষিণেশ্বরে শুভাগমন করেছিলেন। এ ঘটনার কয়েক মাস পরে শারীরিক অসুস্থতা প্রভৃতির জন্য হলধারী কালীবাড়ির কাজ থেকে অবসরগ্রহণ করেন এবং ঠাকুরের ভাইপো অক্ষয় তাঁর জায়গায় নিযুক্ত হন।
ভাবসমাধিতে সিদ্ধ ঠাকুরের অদ্বৈতভাবসাধনে প্রবৃত্ত হওয়ার কারণ
ভক্তের স্বভাব—তাঁরা সাযুজ্য বা নির্বাণ [তথা] মুক্তিলাভে কখনও প্রয়াসী হন না। শান্তদাস্যাদি কোনো এক বিশেষ ভাব অবলম্বন করে ঈশ্বরের প্রেমের মহিমা ও মাধুর্য সম্ভোগ করতেই তাঁরা সর্বদা সচেষ্ট থাকেন। দেবীভক্ত শ্রীরামপ্রসাদের ‘চিনি হওয়া ভাল নয়, মা, চিনি খেতে ভালবাসি’—এই কথা ভক্তহৃদয়ের স্বাভাবিক উচ্ছ্বাস বলে সর্বকালপ্রসিদ্ধ হয়ে আছে। অতএব ভাবসাধনের পরাকাষ্ঠায় উপনীত হওয়ার পর ভাবাতীত অদ্বৈতাবস্থা লাভের জন্য ঠাকুরের প্রয়াস অনেকের কাছে বিসদৃশ ব্যাপার বলে বোধ হতে পারে। কিন্তু এমন ভাবার আগে আমাদের মনে রাখা কর্তব্য যে, ঠাকুর স্বপ্রণোদিত হয়ে তখন আর কোনো কাজ করতে পারতেন না। জগদম্বার বালক ঠাকুর এই সময়ে তাঁর উপর সম্পূর্ণ নির্ভর করে সর্বদা তাঁরই মুখ চেয়ে থাকতেন, এবং জগদম্বা তাঁকে যেভাবে যখন ঘোরাতেন-ফেরাতেন, সেইভাবেই তখন পরমানন্দে থাকতেন। শ্রীশ্রীজগন্মাতাও সেই কারণে তাঁর সম্পূর্ণ ভার নিয়ে নিজের এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ঠাকুরের অজ্ঞাতসারে তাঁকে অদৃষ্টপূর্ব অভিনব আদর্শে গড়ে তুলছিলেন। সর্বপ্রকার সাধনের শেষে ঠাকুর জগদম্বার সেই উদ্দেশ্য উপলব্ধি করেছিলেন, এবং তা বুঝে জীবনের অবশিষ্ট কাল মাতার সঙ্গে প্রেমে এক হয়ে লোককল্যাণসাধন-রূপ তাঁর সুমহৎ দায়িত্ব নিজের বলে অনুভব করে সানন্দে বহন করেছিলেন।
ভাবসাধনের চরমে অদ্বৈতভাবলাভের চেষ্টার যুক্তিযুক্ততা
মধুরভাবসাধনের পরে ঠাকুরের অদ্বৈতভাবসাধনের যুক্তিযুক্ততা আর একদিক দিয়ে দেখলে বিশেষভাবে বোঝা যায়। ভাব ও ভাবাতীত রাজ্য পরস্পর কার্যকারণ সম্বন্ধে সর্বদা অবস্থিত। কারণ, ভাবাতীত অদ্বৈতরাজ্যের ভূমানন্দই সীমাবদ্ধ হয়ে ভাবরাজ্যের দর্শন-স্পর্শনাদি সম্ভোগানন্দরূপে প্রকাশিত রয়েছে। অতএব মধুরভাবে পরাকাষ্ঠা লাভ করে ভাবরাজ্যের চরম ভূমিতে উপনীত হওয়ার পরে ভাবাতীত অদ্বৈত ভূমি ছাড়া অন্য কোথায় আর তাঁর মন অগ্রসর হবে?
শ্রীমৎ তোতাপুরীর আগমন
শ্রীশ্রীজগদম্বার ইঙ্গিতেই যে ঠাকুর তখন অদ্বৈতভাবসাধনে অগ্রসর হয়েছিলেন, এ কথা আমরা নিম্নলিখিত ঘটনা থেকে সম্যক বুঝতে পারব—সাগরসঙ্গমে স্নান ও পুরুষোত্তমক্ষেত্রে শ্রীশ্রীজগন্নাথদেবের সাক্ষাৎ প্রকাশ দর্শন করবেন বলে পরিব্রাজকাচার্য শ্রীমৎ তোতা এই সময়ে মধ্যভারত থেকে যদৃচ্ছা ভ্রমণ করতে করতে বঙ্গে এসে উপস্থিত হলেন। পুণ্যতোয়া নর্মদাতীরে বহুকাল একান্তবাস করে সাধনভজনে নিমগ্ন থেকে তিনি আগেই নির্বিকল্পসমাধিপথে ব্রহ্ম সাক্ষাৎকার করেছিলেন; সেখানকার প্রাচীন সাধুদের কাছে এখনও তার পরিচয় পাওয়া যায়। ব্রহ্মজ্ঞ হওয়ার পরে তাঁর মনে কিছুকাল যদৃচ্ছা পরিভ্রমণের সংকল্প জাগল এবং তার প্রেরণায় তিনি পূর্বভারতে এসে তীর্থ থেকে তীর্থান্তরে ভ্রমণ করতে লাগলেন। আত্মারাম পুরুষেরা সমাধি ছাড়া অন্য সময়ে বাহ্যজগৎ উপলব্ধি করলেও তাকে ব্রহ্ম বলে অনুভব করেন। মায়াকল্পিত জগতের অন্তর্গত বিশেষ বিশেষ ব্যক্তি, দেশ, কাল ও পদার্থে উচ্চাবচ ব্রহ্মপ্রকাশ উপলব্ধি করে তাঁরা সেই সময়ে দেবস্থান, তীর্থ ও সাধুদর্শনে প্রবৃত্ত হন। অতএব ব্রহ্মজ্ঞ তোতা যে তীর্থদর্শনে প্রবৃত্ত হয়েছিলেন, তাতে বিচিত্র কিছু নেই। সেই দুই তীর্থ দর্শন করে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে ফেরার সময় তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন। তিন দিনের বেশি সময় এক জায়গায় কাটানো তাঁর নিয়ম ছিল না। সেজন্য কালীবাড়িতে তিনি তিন দিন মাত্র কাটাবেন বলে স্থির করেছিলেন। শ্রীশ্রীজগদম্বা যে তাঁর জ্ঞানের মাত্রা সম্পূর্ণ করে দেবেন বলে এবং তাঁকে দিয়ে নিজের বালককে বেদান্তসাধন করাবেন বলে তাঁকে এখানে এনেছেন, এ কথা তখন তাঁর হৃদয়ঙ্গম হয়নি।
ঠাকুর ও তোতাপুরীর প্রথম সম্ভাষণ এবং ঠাকুরের বেদান্তসাধনবিষয়ে প্রত্যাদেশলাভ
কালীবাড়িতে পৌঁছে তোতাপুরী প্রথমেই ঘাটের সুবৃহৎ চাঁদনিতে এসে উপস্থিত হলেন। ঠাকুর তখন সেখানে অন্যমনে এক পাশে বসে ছিলেন। তাঁর তপোদীপ্ত ভাবোজ্জ্বল বদনের দিকে দৃষ্টি পড়ামাত্র শ্রীমৎ তোতা আকৃষ্ট হলেন এবং প্রাণে প্রাণে অনুভব করলেন, ইনি সামান্য পুরুষ নন—বেদান্তসাধনের এমন উত্তমাধিকারীর দেখা পাওয়া বিরল। তন্ত্রপ্রাণ বঙ্গে বেদান্তের এমন অধিকারী আছে ভেবে তিনি বিস্ময়ে অভিভূত হলেন এবং ঠাকুরকে বিশেষভাবে নিরীক্ষণ করে স্বতঃপ্রণোদিত হয়ে জিজ্ঞাসা করলেন, “তোমাকে উত্তম অধিকারী বলে বোধ হচ্ছে, তুমি বেদান্তসাধন করবে?”
জটাজূটধারী দীর্ঘবপু উলঙ্গ সন্ন্যাসীর এই প্রশ্নে ঠাকুর উত্তর দিলেন, “কী করব না করব, আমি কিছুই জানি না—আমার মা সব জানেন, তিনি আদেশ করলে করব।”
শ্রীমৎ তোতা—“তবে যাও, তোমার মাকে সে কথা জিজ্ঞাসা করে এসো। কারণ আমি এখানে দীর্ঘকাল থাকব না।”
ঠাকুর এ কথায় আর কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে ৺জগদম্বার মন্দিরে গেলেন এবং ভাবাবিষ্ট হয়ে শ্রীশ্রীজগন্মাতার বাণী শুনতে পেলেন—“যাও শিক্ষা করো, তোমাকে শেখাবার জন্যই সন্ন্যাসীর এখানে আগমন হয়েছে।”
শ্রীশ্রীজগদম্বা সম্বন্ধে শ্রীমৎ তোতার যেমন ধারণা ছিল
অর্ধবাহ্যভাবাবিষ্ট ঠাকুর তখন হর্ষোৎফুল্লবদনে তোতাপুরী গোস্বামীর কাছে এসে তাঁর মায়ের সেই প্রত্যাদেশ নিবেদন করলেন। মন্দিরের ভিতরে প্রতিষ্ঠিত ৺দেবীকেই ঠাকুর প্রেমে এভাবে মাতৃসম্বোধন করছেন বুঝে শ্রীমৎ তোতা তাঁর বালকের মতো সরলতায় মুগ্ধ হলেও তাঁর এইরকম আচরণ অজ্ঞতা ও কুসংস্কারের ফল বলে ধারণা করলেন। আমরা এ কথা অনুমান করতে পারি যে, এই সিদ্ধান্তে তাঁর অধরপ্রান্তে করুণা ও ব্যঙ্গমিশ্রিত হাসির ঈষৎ রেখা দেখা দিয়েছিল। কারণ শ্রীমৎ তোতার তীক্ষ্ণবুদ্ধি বেদান্তোক্ত কর্মফলদাতা ঈশ্বর ছাড়া অন্য কোনো দেবদেবীর কাছে মাথা নত করত না, এবং ব্রহ্মধ্যানপরায়ণ সংযত সাধকের পক্ষে এমন ঈশ্বরের অস্তিত্বমাত্রে শ্রদ্ধাপূর্ণ বিশ্বাস ছাড়া কৃপাপ্রার্থী হয়ে তাঁকে ভক্তি ও উপাসনাদি করার প্রয়োজনীয়তা স্বীকার করত না। আর ত্রিগুণময়ী ব্রহ্মশক্তি মায়া? —গোস্বামীজী মায়াকে ভ্রমমাত্র বলে ধারণা করে তার ব্যক্তিগত অস্তিত্ব স্বীকার করার বা তার প্রসন্নতার জন্য উপাসনা করার কোনো আবশ্যকতা অনুভব করতেন না। বস্তুত, অজ্ঞানবন্ধন থেকে মুক্তিলাভের জন্য সাধকের পুরুষকার অবলম্বন ছাড়া ঈশ্বর বা শক্তিসংযুক্ত ব্রহ্মের করুণা ও সাহায্য প্রার্থনা যে কিছুমাত্র সফল হয়, তা তিনি প্রাণে অনুভব করতেন না, এবং যারা তেমন করে, তারা ভ্রান্ত সংস্কারের বশে তা করে বলে সিদ্ধান্ত করতেন।
ঠাকুরের গুপ্তভাবে সন্ন্যাসগ্রহণের অভিপ্রায় ও তার কারণ
সে যা হোক, তোতা ভাবলেন, তাঁর কাছে দীক্ষিত হয়ে জ্ঞানমার্গের সাধন শুরু করলে ঠাকুরের মনের সেই সংস্কার অচিরে দূর হবে; তাই তিনি সে সম্বন্ধে ঠাকুরকে এখন আর কিছু না বলে অন্য কথার অবতারণা করলেন এবং বললেন—বেদান্তসাধনে উপদিষ্ট ও প্রবৃত্ত হওয়ার আগে তাঁকে শিখাসূত্র ত্যাগ করে যথাশাস্ত্র সন্ন্যাসগ্রহণ করতে হবে। ঠাকুর এ কথায় সম্মত হতে একটু ইতস্তত করে বললেন—গোপনে করলে যদি হয়, তাহলে সন্ন্যাসগ্রহণ করতে তাঁর কিছুমাত্র আপত্তি নেই। কিন্তু প্রকাশ্যে তা করে তাঁর শোকসন্তপ্ত বৃদ্ধা জননীর প্রাণে বিষম আঘাত দিতে তিনি কিছুতেই পারবেন না। গোস্বামীজী তা শুনে ঠাকুরের এই অভিপ্রায়ের কারণ বুঝতে পারলেন এবং ‘উত্তম কথা, শুভ মুহূর্ত উপস্থিত হলে তোমাকে গোপনেই দীক্ষিত করব’ বলে পঞ্চবটীতলে এসে আসন পাতলেন।
ঠাকুরের সন্ন্যাসদীক্ষাগ্রহণের পূর্বকার্যগুলি সম্পাদন
তারপর শুভদিন এসেছে জেনে শ্রীমৎ তোতা ঠাকুরকে পিতৃপুরুষদের তৃপ্তির জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন করতে আদেশ করলেন, এবং সেই কাজ সমাধা হলে শিষ্যের নিজের আত্মার তৃপ্তির জন্য যথাবিধানে পিণ্ডপ্রদান করালেন। কারণ সন্ন্যাস-দীক্ষাগ্রহণের সময় থেকে সাধক ভূরাদি সমস্ত লোকপ্রাপ্তির আশা ও অধিকার নিঃশেষে বর্জন করেন বলে শাস্ত্র তাঁকে তার আগে নিজের প্রেত-পিণ্ড নিজেই প্রদান করতে বলেছেন।
ঠাকুর যখন যাঁকে গুরুপদে বরণ করেছেন, তখন নিঃসংকোচে তাঁর কাছে আত্মসমর্পণ করে, গুরু যেমন করতে আদেশ করেছেন, অসীম বিশ্বাসের সঙ্গে তা পালন করেছেন। অতএব বলা বাহুল্য, শ্রীমৎ তোতা এই সময়ে তাঁকে যেমন করতে বলছিলেন, তিনি বর্ণে বর্ণে তা-ই পালন করছিলেন। শ্রাদ্ধাদি পূর্বক্রিয়া সমাপন করে তিনি সংযত হয়ে রইলেন, এবং পঞ্চবটীর নিজের সাধনকুটিরে গুরুনির্দিষ্ট জিনিসগুলি সংগ্রহ করে সানন্দে শুভমুহূর্তের প্রতীক্ষা করতে লাগলেন।
তারপর রাত্রি-অবসানে শুভ ব্রাহ্মমুহূর্তের উদয় হলে গুরু ও শিষ্য উভয়ে কুটিরে সমাগত হলেন। পূর্বকৃত্য সমাপ্ত হল, হোমাগ্নি প্রজ্বলিত হল, এবং ঈশ্বরার্থে সর্বস্ব-ত্যাগরূপ যে ব্রত সনাতন কাল থেকে গুরুপরম্পরায় চলে এসে ভারতকে এখনও ব্রহ্মজ্ঞপদবিতে সুপ্রতিষ্ঠিত রেখেছে, সেই ত্যাগব্রত অবলম্বনের আগে উচ্চার্য মন্ত্রগুলির পূতগম্ভীর ধ্বনিতে পঞ্চবটী-উপবন মুখরিত হয়ে উঠল। পুণ্যতোয়া ভাগীরথীর স্নেহসম্পূর্ণ কম্পিতবক্ষে সেই ধ্বনির সুখস্পর্শ যেন নতুন জীবনের সঞ্চার করল, এবং যুগযুগান্তরের অলৌকিক সাধক বহুকাল পরে আবার ভারতের এবং সমগ্র জগতের বহুজনহিতার্থ সর্বস্বত্যাগরূপ ব্রত অবলম্বন করছেন—এই সংবাদ জানাবার জন্যই ভাগীরথী যেন আনন্দকলগানে দিগন্তে প্রবাহিত হতে লাগলেন।
সন্ন্যাসগ্রহণের আগে প্রার্থনামন্ত্র
গুরু মন্ত্রপাঠ আরম্ভ করলেন, শিষ্য অবহিতচিত্তে তাঁকে অনুসরণ করে সেই সব কথা উচ্চারণ করে সমিদ্ধ হুতাশনে আহুতি দিতে প্রস্তুত হলেন। প্রথমে প্রার্থনামন্ত্র উচ্চারিত হল –
“পরব্রহ্মতত্ত্ব আমাকে প্রাপ্ত হোক। পরমানন্দলক্ষণোপেত বস্তু আমাকে প্রাপ্ত হোক। অখণ্ডৈকরস মধুময় ব্রহ্মবস্তু আমাতে প্রকাশিত হোক। হে ব্রহ্মবিদ্যাসহ নিত্য বর্তমান পরমাত্মন্! দেব-মনুষ্যাদি তোমার সমগ্র সন্তানদের মধ্যে আমি তোমার বিশেষকরুণাযোগ্য বালক সেবক। হে সংসার-দুঃস্বপ্ন-হারিন্ পরমেশ্বর! দ্বৈতপ্রতিভারূপ আমার যাবতীয় দুঃস্বপ্ন বিনাশ করো। হে পরমাত্মন্! আমার যাবতীয় প্রাণবৃত্তি আমি নিঃশেষে তোমাতে আহুতি দিয়ে ইন্দ্রিয়গুলিকে নিরুদ্ধ করে তদেকচিত্ত হচ্ছি। হে সর্বপ্রেরক দেব! জ্ঞানপ্রতিবন্ধক যাবতীয় মলিনতা আমার থেকে বিদূরিত করে অসম্ভাবনা-বিপরীতভাবনাদিরহিত তত্ত্বজ্ঞান যাতে আমাতে উপস্থিত হয়, তা-ই করো। সূর্য, বায়ু, সকল নদীর স্নিগ্ধ নির্মল বারি, ব্রীহিযবাদি শস্য, বনস্পতিসমূহ, জগতের সকল পদার্থ তোমার নির্দেশে অনুকূলপ্রকাশযুক্ত হয়ে আমাকে তত্ত্বজ্ঞানলাভে সহায়তা করুক। হে ব্রহ্মন্! তুমিই জগতে বিশেষশক্তিমান নানা রূপে প্রকাশিত হয়ে রয়েছ। শরীর-মন-শুদ্ধির দ্বারা তত্ত্বজ্ঞানধারণের যোগ্যতালাভের জন্য আমি অগ্নিস্বরূপ তোমাতে আহুতি প্রদান করছি—প্রসন্ন হও।”[3]
সন্ন্যাসগ্রহণের পূর্ব–সম্পাদ্য বিরজাহোমের সংক্ষেপ সারার্থ
এরপর বিরজাহোম আরম্ভ হল—“পৃথ্বী, অপ্, তেজঃ, বায়ু ও আকাশ-রূপে আমাতে অবস্থিত ভূতপঞ্চক শুদ্ধ হোক; আহুতিপ্রভাবে রজোগুণপ্রসূত মলিনতা থেকে বিমুক্ত হয়ে আমি যেন জ্যোতিঃস্বরূপ হই—স্বাহা।
“প্রাণ, অপান, সমান, উদান, ব্যানাদি আমাতে অবস্থিত সকল বায়ু শুদ্ধ হোক; আহুতিপ্রভাবে রজোগুণপ্রসূত মলিনতা থেকে বিমুক্ত হয়ে আমি যেন জ্যোতিঃস্বরূপ হই—স্বাহা।
“অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় নামের আমার কোষ-পঞ্চক শুদ্ধ হোক; আহুতিপ্রভাবে রজোগুণপ্রসূত মলিনতা থেকে বিমুক্ত হয়ে আমি যেন জ্যোতিঃস্বরূপ হই—স্বাহা।
“শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ-প্রসূত আমাতে অবস্থিত বিষয়সংস্কারসমূহ শুদ্ধ হোক; আহুতিপ্রভাবে রজোগুণপ্রসূত মলিনতা থেকে বিমুক্ত হয়ে আমি যেন জ্যোতিঃস্বরূপ হই—স্বাহা।
“আমার মন, বাক্য, কায়, কর্মাদি শুদ্ধ হোক; আহুতিপ্রভাবে রজোগুণপ্রসূত মলিনতা থেকে বিমুক্ত হয়ে আমি যেন জ্যোতিঃস্বরূপ হই—স্বাহা।
“হে অগ্নিশরীরে শয়ান! জ্ঞান-প্রতিবন্ধ-হরণ-কুশল, লোহিতাক্ষ পুরুষ, জাগরিত হও। হে অভীষ্টপূরণকারিন্! তত্ত্বজ্ঞানলাভের পথে আমার যত কিছু প্রতিবন্ধক আছে, সেগুলির নাশ করো, এবং চিত্তের সমগ্র সংস্কার সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে যাতে গুরুমুখে শ্রুত জ্ঞান আমার অন্তরে সম্যক উদিত হয়, তা করে দাও; আহুতি দ্বারা রজোগুণপ্রসূত মলিনতা বিদূরিত হয়ে আমি যেন জ্যোতিঃস্বরূপ হই—স্বাহা।
“চিদাভাস ব্রহ্মস্বরূপ আমি দারা, পুত্র, সম্পদ, লোকমান্য, সুন্দর শরীরাদি লাভের সমস্ত বাসনা অগ্নিতে আহুতি দিয়ে নিঃশেষে ত্যাগ করছি—স্বাহা।”
ঠাকুরের শিখাসূত্রাদি ত্যাগ করে সন্ন্যাসগ্রহণ
এভাবে বহু আহুতি দেওয়ার পর ‘ভূরাদি সকল লোকলাভের প্রত্যাশা আমি এই মুহূর্ত থেকে ত্যাগ করলাম’ এবং ‘জগতের সর্বভূতকে অভয় প্রদান করছি’—শিষ্য এই কথা বললে হোমের পরিসমাপ্তি হল। তারপর শিখা, সূত্র ও যজ্ঞোপবীত যথাবিধানে আহুতি দিয়ে, আবহমানকাল থেকে সাধকপরম্পরানিষেবিত গুরুপ্রদত্ত কৌপীন, কাষায় ও নামে[4] ভূষিত হয়ে ঠাকুর শ্রীমৎ তোতার কাছে উপদেশগ্রহণের জন্য বসলেন।
ঠাকুরের ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য শ্রীমৎ তোতার প্রেরণা
এরপর ব্রহ্মজ্ঞ তোতা এখন ঠাকুরকে উৎসাহিত করতে লাগলেন, যাতে তিনি বেদান্তপ্রসিদ্ধ ‘নেতি নেতি’ উপায় অবলম্বন করে ব্রহ্মস্বরূপে অবস্থান করেন। বললেন –
নিত্যশুদ্ধবুদ্ধমুক্তস্বভাব, দেশকালাদি দ্বারা সর্বদা অপরিচ্ছিন্ন একমাত্র ব্রহ্মবস্তুই নিত্য সত্য। অঘটন-ঘটন-পটীয়সী মায়া নিজপ্রভাবে নামরূপের দ্বারা তাঁকে খণ্ডিতবৎ প্রতীত করালেও তিনি কখনও বাস্তবিক তেমন নন। কারণ সমাধিকালে মায়াজনিত দেশকাল বা নামরূপের বিন্দুমাত্র উপলব্ধি হয় না। অতএব নামরূপের সীমার মধ্যে যা কিছু অবস্থিত, তা কখনও নিত্য বস্তু হতে পারে না; তাকেই দূর থেকে পরিহার করো। নামরূপের দৃঢ় পিঞ্জর সিংহবিক্রমে ভেদ করে বেরিয়ে এসো। নিজের মধ্যে অবস্থিত আত্মতত্ত্বের অন্বেষণে ডুবে যাও। সমাধির সাহায্যে তাঁতে অবস্থান করো; দেখবে, নামরূপাত্মক জগৎ তখন কোথায় লুপ্ত হবে, ক্ষুদ্র ‘আমি’-জ্ঞান বিরাটে লীন ও স্তব্ধীভূত হবে, এবং অখণ্ড সচ্চিদানন্দকে নিজ স্বরূপ বলে সাক্ষাৎ প্রত্যক্ষ করবে। “যে জ্ঞান অবলম্বন করে এক ব্যক্তি অপরকে দেখে, জানে বা অপরের কথা শোনে, তা অল্প বা ক্ষুদ্র; যা অল্প, তা তুচ্ছ—তাতে পরমানন্দ নেই; কিন্তু যে জ্ঞানে অবস্থিত হয়ে এক ব্যক্তি অপরকে দেখে না, জানে না বা অপরের বাণী ইন্দ্রিয়গোচর করে না—তা-ই ভূমা বা মহান, তার সাহায্যে পরমানন্দে অবস্থিতি হয়। যিনি সর্বথা সকলের অন্তরে বিজ্ঞাতা হয়ে রয়েছেন, কোন মনবুদ্ধি তাঁকে জানতে পারবে?”
ঠাকুরের মনকে নির্বিকল্প করার চেষ্টা নিষ্ফল হওয়ায় তোতার আচরণ এবং ঠাকুরের নির্বিকল্প সমাধিলাভ
শ্রীমৎ তোতা এভাবে নানা যুক্তি ও সিদ্ধান্তবাক্যের সাহায্যে সেদিন ঠাকুরকে সমাহিত করতে চেষ্টা করেছিলেন। ঠাকুরের মুখে শুনেছি, তোতা যেন নিজের আজীবন সাধনালব্ধ উপলব্ধিগুলি তাঁর অন্তরে প্রবেশ করিয়ে তাঁকে তৎক্ষণাৎ অদ্বৈতভাবে সমাহিত করে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছিলেন। ঠাকুর বলতেন, “দীক্ষা দিয়ে ন্যাংটা নানা সিদ্ধান্তবাক্যের উপদেশ দিতে লাগল, এবং মনকে সর্বতোভাবে নির্বিকল্প করে আত্মধ্যানে নিমগ্ন হয়ে যেতে বলল। আমার কিন্তু এমনি হল যে, ধ্যান করতে বসে চেষ্টা করেও মনকে নির্বিকল্প করতে বা নামরূপের গণ্ডি ছাড়াতে পারলাম না। অন্য সব বিষয় থেকে মন সহজেই গুটিয়ে আসতে লাগল, কিন্তু ওরকম গুটিয়ে আসামাত্র তাতে শ্রীশ্রীজগদম্বার চিরপরিচিত চিদ্ঘনোজ্জ্বল মূর্তি জ্বলন্ত জীবন্তভাবে সমুদিত হয়ে সর্বপ্রকার নামরূপ ত্যাগের কথা একেবারে ভুলিয়ে দিতে লাগল। সিদ্ধান্তবাক্যগুলি শুনে ধ্যানে বসে যখন উপর্যুপরি তিন দিন এরকম হতে লাগল, তখন নির্বিকল্প সমাধি সম্বন্ধে একরকম নিরাশ হলাম, এবং চোখ মেলে ন্যাংটাকে বললাম, ‘হল না, মনকে সম্পূর্ণ নির্বিকল্প করে আত্মধ্যানে মগ্ন হতে পারলাম না।’ ন্যাংটা তখন বিষম উত্তেজিত হয়ে তীব্র তিরস্কার করে বলল, ‘কেঁও, হোগা নেহি’ অর্থাৎ—কী! হবে না, এত বড় কথা! বলে কুটিরের মধ্যে ইতস্তত তাকিয়ে একটা ভাঙা কাচের টুকরো দেখতে পেয়ে সেটা তুলে নিল, এবং সুচের মতো তার তীক্ষ্ণ অগ্রভাগ ভ্রূমধ্যে সজোরে বিঁধিয়ে দিয়ে বলল, ‘এই বিন্দুতে মনকে গুটিয়ে আন।’ তখন আবার দৃঢ়সংকল্প করে ধ্যানে বসলাম, এবং ৺জগদম্বার শ্রীমূর্তি আগের মতো মনে উদিত হওয়ামাত্র জ্ঞানকে অসি কল্পনা করে তা দিয়ে সেই মূর্তিকে মনে মনে দ্বিখণ্ড করে ফেললাম। তখন আর মনে কোনো বিকল্প রইল না; একেবারে হু হু করে মন সমগ্র নামরূপরাজ্যের উপরে উঠে গেল, এবং সমাধিনিমগ্ন হলাম।”
ঠাকুর নির্বিকল্প সমাধি যথার্থ লাভ করেছেন কি না, তা নিয়ে তোতার পরীক্ষা ও বিস্ময়
ঠাকুর ওইভাবে সমাধিস্থ হলে শ্রীমৎ তোতা অনেকক্ষণ তাঁর কাছে বসে রইলেন। পরে নিঃশব্দে কুটিরের বাইরে এসে, তাঁর অজ্ঞাতসারে পাছে কেউ কুটিরে ঢুকে ঠাকুরকে বিরক্ত করে, এজন্য দরজায় তালা লাগিয়ে দিলেন। তারপর কুটিরের অনতিদূরে পঞ্চবটীতলে নিজের আসনে বসে, দরজা খুলে দেওয়ার জন্য ঠাকুরের ডাকের প্রতীক্ষা করতে লাগলেন।
দিন গেল, রাত্রি এল। দিনের পর দিন এল, তিন দিন অতিবাহিত হল। তবু ঠাকুর শ্রীমৎ তোতাকে দরজা খুলে দেওয়ার জন্য ডাকলেন না। তখন বিস্ময়কৌতূহলে তোতা নিজেই আসন ছেড়ে উঠলেন, এবং শিষ্যের অবস্থা জানবেন বলে অর্গল খুলে কুটিরে প্রবেশ করলেন। দেখলেন, যেমন বসিয়ে গিয়েছিলেন, ঠাকুর সেইভাবেই বসে আছেন—দেহে প্রাণের প্রকাশমাত্র নেই, কিন্তু মুখ প্রশান্ত, গম্ভীর, জ্যোতিপূর্ণ! বুঝলেন—বহির্জগৎ সম্বন্ধে শিষ্য এখনও সম্পূর্ণ মৃতকল্প—নিবাত-নিষ্কম্প প্রদীপের মতো তাঁর চিত্ত ব্রহ্মে লীন হয়ে অবস্থান করছে!
ঠাকুরের সমাধিভঙ্গ করার জন্য শ্রীমৎ তোতার চেষ্টা
সমাধিরহস্যজ্ঞ তোতা স্তম্ভিতহৃদয়ে ভাবতে লাগলেন—যা দেখছি, তা কি বাস্তবিক সত্য—চল্লিশ বছরব্যাপী কঠোর সাধনায় যা জীবনে উপলব্ধি করতে পেরেছি, তা কি এই মহাপুরুষ সত্যি সত্যিই তিন দিনে আয়ত্ত করলেন! সন্দেহাবেগে তোতা পুনরায় পরীক্ষায় মনোনিবেশ করলেন, তন্ন তন্ন করে শিষ্যদেহে প্রকাশিত লক্ষণগুলি অনুধাবন করতে লাগলেন। হৃদয় স্পন্দিত হচ্ছে কি না, নাসিকাদ্বারে বিন্দুমাত্র বায়ু নির্গত হচ্ছে কি না, বিশেষ করে পরীক্ষা করলেন। কাষ্ঠখণ্ডের মতো ধীর স্থির অচল হয়ে থাকা শিষ্যশরীর বারংবার স্পর্শ করলেন। কিছুমাত্র বিকার, বৈলক্ষণ্য বা চেতনার উদয় হল না! তখন বিস্ময়ানন্দে অভিভূত হয়ে তোতা চিৎকার করে বলে উঠলেন –
‘য়হ ক্যা দৈবী মায়া’—সত্যি সত্যিই সমাধি! বেদান্তোক্ত জ্ঞানমার্গের চরম ফল—নির্বিকল্প সমাধি! তিন দিনে[5] হয়েছে! দেবতার এ কী অত্যদ্ভুত মায়া! এরপর সমাধি থেকে শিষ্যকে ব্যুত্থিত করবেন বলে তোতা প্রক্রিয়া আরম্ভ করলেন, এবং ‘হরি ওম্’-মন্ত্রের সুগভীর আরাবে পঞ্চবটীর স্থল-জল-ব্যোম পূর্ণ হয়ে উঠল।
শিষ্যপ্রেমে মুগ্ধ হয়ে এবং নির্বিকল্প ভূমিতে তাকে দৃঢ়প্রতিষ্ঠিত করবেন বলে শ্রীমৎ তোতা কীভাবে এখানে দিনের পর দিন এবং মাসের পর মাস কাটাতে লাগলেন, এবং ঠাকুরের সাহায্যে কীভাবে নিজের আধ্যাত্মিক জীবন সর্বাঙ্গসম্পূর্ণ করলেন, সে সব কথা আমরা অন্যত্র[6] সবিস্তারে বলেছি, তাই এখানে তার পুনরুল্লেখ করলাম না।
একাদিক্রমে এগারো মাস দক্ষিণেশ্বরে থেকে শ্রীমৎ তোতা উত্তর-পশ্চিমাঞ্চলে প্রস্থান করলেন। এই ঘটনার ঠিক পরেই ঠাকুরের মনে দৃঢ় সংকল্প জাগল যে, তিনি এখন থেকে নিরন্তর নির্বিকল্প অদ্বৈতভূমিতে অবস্থান করবেন। কীভাবে তিনি সেই সংকল্প কাজে পরিণত করেছিলেন—জীবকোটি সাধকবর্গের কথা দূরে থাক, অবতারপ্রতিম আধিকারিক পুরুষেরাও যে ঘনীভূত অদ্বৈতাবস্থায় বহুকাল অবস্থান করতে পারেন না, সেই ভূমিতে কীভাবে তিনি নিরন্তর ছয় মাস কাল অবস্থান করতে পেরেছিলেন, এবং সেই সময়ে কীভাবে একজন সাধুপুরুষ কালীবাড়িতে এসে, পরে ঠাকুরের হাতে বিশেষভাবে লোককল্যাণ হবে জানতে পেরে, ছয় মাস কাল সেখানে থেকে নানা উপায়ে তাঁর শরীর রক্ষা করেছিলেন, সে সব কথা আমরা পাঠককে অন্যত্র[7] বলেছি। অতএব ঠাকুরের সাহায্যে এই সময়ে মথুরবাবুর জীবনে যে বিশেষ ঘটনা ঘটেছিল, তার উল্লেখ করে আমরা এই অধ্যায়ের উপসংহার করব।
জগদম্বা দাসীর কঠিন পীড়া ঠাকুরের আরোগ্য করা
ঠাকুরের ভিতর নানারকম দৈবশক্তির দর্শনে তাঁর প্রতি শ্রীযুক্ত মথুরামোহনের ভক্তি-বিশ্বাস আগেই বিশেষভাবে বেড়ে উঠেছিল। এই সময়ের একটি ঘটনায় সেই ভক্তি আরও অচলভাব ধারণ করে চিরকাল তাঁকে ঠাকুরের শরণাপন্ন করে রেখেছিল।
মথুরামোহনের দ্বিতীয় পত্নী শ্রীমতী জগদম্বা দাসী এই সময়ে গ্রহণীরোগে আক্রান্ত হলেন। রোগ ক্রমশ এত বেড়ে উঠল যে, কলিকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার-বৈদ্যরা তাঁর জীবনরক্ষা সম্বন্ধে প্রথমে সংশয়াপন্ন এবং পরে হতাশ হলেন।
ঠাকুরের কাছে শুনেছি, মথুরামোহন সুপুরুষ ছিলেন, কিন্তু দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। রূপবান দেখেই রাসমণি তাঁকে প্রথমে নিজের তৃতীয় কন্যা শ্রীমতী করুণাময়ীর সঙ্গে, এবং সেই কন্যার মৃত্যু হলে আবার নিজের কনিষ্ঠ কন্যা শ্রীমতী জগদম্বা দাসীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তাই বিয়ের পরেই শ্রীযুক্ত মথুরের অবস্থার পরিবর্তন হল, এবং স্বয়ং বুদ্ধিবলে ও কর্মকুশলতায় ক্রমে তিনি নিজের শাশুড়ি-ঠাকুরানীর ডান হাত হয়ে উঠলেন। তারপর রানী রাসমণির মৃত্যু হলে কীভাবে তিনি রানীর বিষয়সংক্রান্ত সব কাজের পরিচালনায় একরকম একাধিপত্য লাভ করেছিলেন, তা আমরা পাঠককে জানিয়েছি।
জগদম্বা দাসীর সাংঘাতিক অসুখে মথুরামোহন এখন যে কেবল প্রিয়তমা পত্নীকে হারাতে বসলেন তা নয়, সঙ্গে সঙ্গে নিজের শাশুড়ি-ঠাকুরানীর বিষয়সম্পত্তির উপর সেই আধিপত্যও হারাতে বসলেন। সুতরাং তাঁর মনের তখনকার অবস্থা সম্বন্ধে বেশি কথা বলা নিষ্প্রয়োজন।
রোগীর অবস্থা দেখে যখন ডাক্তার-বৈদ্যরা জবাব দিয়ে গেলেন, মথুর তখন কাতর হয়ে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন, এবং কালীমন্দিরে শ্রীশ্রীজগন্মাতাকে প্রণাম করে ঠাকুরের খোঁজে পঞ্চবটীতে এলেন। তাঁর ওইরকম উন্মত্তপ্রায় অবস্থা দেখে ঠাকুর তাঁকে সযত্নে পাশে বসালেন, এবং কেন এমন হয়েছে জিজ্ঞাসা করলেন। মথুর তখন তাঁর পদপ্রান্তে পড়ে সজলনয়নে গদগদ স্বরে সব কথা নিবেদন করে দীনভাবে বারংবার বলতে লাগলেন, “আমার যা হওয়ার তা তো হতে চলল; বাবা, তোমার সেবাধিকার থেকেও এবার বঞ্চিত হলাম, তোমার সেবা আর করতে পাব না।”
মথুরের এইরকম দৈন্য দেখে ঠাকুরের হৃদয় করুণায় পূর্ণ হল। তিনি ভাবাবিষ্ট হয়ে মথুরকে বললেন, “ভয় নেই, তোমার পত্নী আরোগ্যলাভ করবে।” বিশ্বাসী মথুর ঠাকুরকে সাক্ষাৎ দেবতা বলে জানতেন; সুতরাং তাঁর অভয়বাণীতে প্রাণ পেয়ে সেদিন বিদায় নিলেন। তারপর জানবাজারে ফিরে তিনি দেখলেন, সহসা জগদম্বা দাসীর সাংঘাতিক অবস্থার পরিবর্তন হয়েছে। ঠাকুর বলতেন, “সেদিন থেকে জগদম্বা দাসী ধীরে ধীরে আরোগ্যলাভ করতে লাগল, আর তার ওই রোগটার ভোগ (নিজের শরীর দেখিয়ে) এই শরীরের উপর দিয়ে হতে থাকল; জগদম্বা দাসীকে ভালো করে আমাকে ছয় মাস কাল পেটের পীড়া ও অন্যান্য যন্ত্রণায় ভুগতে হয়েছিল।”
ঠাকুরের প্রতি শ্রীযুক্ত মথুরের অদ্ভুত প্রেমপূর্ণ সেবার কথা আলোচনা করার সময় ঠাকুর একদিন আমাদের কাছে সেই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, “মথুর যে চোদ্দ বছর সেবা করেছিল, তা কি অমনি করেছিল? মা তাকে (নিজের শরীর দেখিয়ে) এর ভিতর দিয়ে নানারকম অদ্ভুত অদ্ভুত সব দেখিয়েছিলেন, সেইজন্যই সে অত সেবা করেছিল।”
[1] সকাম কর্ম।
[2] যাঁহা রাম তাঁহা কাম নেহি,
যাঁহা কাম তাঁহা নেহি রাম।
দুঁহু একসাথ, মিলত নেহি,
রবি রজনী এক ঠাম্॥ – তুলসীদাস–কৃত দোঁহা
[3] ত্রিসুপর্ণমন্ত্রের ভাবার্থ।
[4] আমাদের মধ্যে কেউ কেউ বলেন, সন্ন্যাসদীক্ষাদানের সময় শ্রীমৎ তোতাপুরী গোস্বামী ঠাকুরকে ‘শ্রীরামকৃষ্ণ’ নাম দিয়েছিলেন। অন্য কেউ কেউ বলেন, ঠাকুরের পরমভক্ত সেবক শ্রীযুত মথুরামোহনই তাঁকে প্রথম এই নামে অভিহিত করেন। প্রথম মতটিই আমাদের কাছে সমীচীন বলে বোধ হয়।
[5] গুরুভাব – পূর্বার্ধ (৯ম সং), ‘কথামৃত’ ৪র্থ ভাগ (৮ম সং) ৩১০ পৃঃ – প্রঃ
[6] গুরুভাব – পূর্বার্ধ, ৮ম অধ্যায়।
[7] গুরুভাব – পূর্বার্ধ, ২য় অধ্যায়।
ঠাকুরের কঠিন ব্যাধি—সেই সময়ে তাঁর মনের অপূর্ব আচরণ
জগদম্বা দাসীর সাংঘাতিক পীড়া ওইভাবে আরোগ্য করার ফলেই হোক, অথবা অদ্বৈত-ভাবভূমিতে নিরন্তর অবস্থানের জন্য ঠাকুর দীর্ঘ ছয় মাস ধরে যে অমানুষী চেষ্টা করেছিলেন তার ফলেই হোক, তাঁর দৃঢ় শরীর ভেঙে পড়েছিল, এবং এই সময়ে কয়েক মাস রোগগ্রস্ত ছিল। তাঁর কাছে শুনেছি, সেই সময়ে তিনি আমাশয় পীড়ায় কঠিনভাবে আক্রান্ত হয়েছিলেন। ভাগনে হৃদয় নিরন্তর তাঁর সেবায় লেগে থাকত, এবং শ্রীযুক্ত মথুর তাঁকে সুস্থ ও রোগমুক্ত করার জন্য প্রসিদ্ধ কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের চিকিৎসা ও পথ্যাদির বিশেষ বন্দোবস্ত করে দিয়েছিলেন। কিন্তু শরীর এভাবে ব্যাধিগ্রস্ত হলেও ঠাকুরের দেহবোধবিবর্জিত মন এখন যে অপূর্ব শান্তি ও নিরবচ্ছিন্ন আনন্দে অবস্থান করত, তা বলার নয়। বিন্দুমাত্র উদ্দীপনায়[1] সেই মন শরীর, ব্যাধি এবং সংসারের সব বিষয় থেকে পৃথক হয়ে দূরে নির্বিকল্পভূমিতে একেবারে উপনীত হত, এবং ব্রহ্ম, আত্মা বা ঈশ্বরকে স্মরণ করামাত্রই অন্য সব কথা ভুলে তন্ময় হয়ে কিছুকালের জন্য নিজের পৃথগস্তিত্ববোধ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলত। সুতরাং বোঝা যায়, ব্যাধির প্রকোপে শরীরে অসহ্য যন্ত্রণা দেখা দিলেও তিনি তার অতি সামান্যই উপলব্ধি করতেন। তবে সেই ব্যাধির যন্ত্রণা সময়ে সময়ে তাঁর মনকে উচ্চভাবভূমি থেকে নামিয়ে শরীরে যে নিবিষ্ট করত, এ কথাও আমরা তাঁর শ্রীমুখে শুনেছি। ঠাকুর বলতেন, এই সময়ে বেদান্তমার্গবিচরণশীল সাধকাগ্রণী পরমহংসেরা তাঁর কাছে এসেছিলেন, এবং ‘নেতি নেতি’, ‘অস্তি-ভাতি-প্রিয়’, ‘অয়মাত্মা ব্রহ্ম’ প্রভৃতি বেদান্তপ্রসিদ্ধ তত্ত্বসমূহের বিচারধ্বনিতে তাঁর বাসগৃহ নিরন্তর মুখরিত হয়ে থাকত।[2] সেই সব উচ্চতত্ত্বের বিচারের সময় তাঁরা যখন কোনো বিষয়ে সুমীমাংসায় উপনীত হতে পারতেন না, ঠাকুরকেই তখন মধ্যস্থ হয়ে তার মীমাংসা করে দিতে হত। বলা বাহুল্য, সাধারণ মানুষের মতো ব্যাধির প্রকোপে নিরন্তর মুহ্যমান হয়ে থাকলে কঠোর দার্শনিক বিচারে এভাবে প্রতিনিয়ত যোগ দেওয়া তাঁর পক্ষে কখনোই সম্ভবপর হত না।
অদ্বৈতভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে ঠাকুরের দর্শন—সেই দর্শনের ফলে তাঁর উপলব্ধিসমূহ
আমরা অন্যত্র বলেছি, নির্বিকল্প ভূমিতে নিরন্তর অবস্থানকালের শেষভাগে ঠাকুরের এক বিচিত্র দর্শন বা উপলব্ধি হয়েছিল। ভাবমুখে অবস্থান করার জন্য তিনি তৃতীয়বার আদিষ্ট হয়েছিলেন।[3] ‘দর্শন’ বলে বিষয়টির উল্লেখ করলেও সেটি যে তাঁর প্রাণে প্রাণে উপলব্ধির কথা, তা পাঠক বুঝে নেবেন। কারণ আগের দুবারের মতো ঠাকুর এবার কোনো দৃষ্ট মূর্তির মুখে সে কথা শোনেননি। কিন্তু তুরীয় অদ্বৈততত্ত্বে একেবারে একীভূত হয়ে অবস্থান না করে যখন তাঁর মন সেই তত্ত্ব থেকে কিছুটা পৃথক হয়ে নিজেকে সগুণ বিরাট ব্রহ্মের বা শ্রীশ্রীজগদম্বার অংশ বলে প্রত্যক্ষ করছিল, তখনই সেই মন ওই বিরাট ব্রহ্মের বিরাট মনে এই ভাব বা ইচ্ছার বিদ্যমানতা সাক্ষাৎ উপলব্ধি করেছিল।[4] সেই উপলব্ধি থেকে তাঁর মনে নিজের জীবনের ভবিষ্যৎ প্রয়োজনীয়তা সম্যক প্রস্ফুটিত হয়ে উঠেছিল। কারণ শরীর রক্ষা করার জন্য বিন্দুমাত্র বাসনা অন্তরে না থাকলেও শ্রীশ্রীজগদম্বার বিচিত্র ইচ্ছায় বারংবার ভাবমুখে অবস্থান করতে আদিষ্ট হয়ে ঠাকুর বুঝেছিলেন, নিজের প্রয়োজন না থাকলেও ভগবল্লীলার প্রয়োজনে তাঁকে দেহ ধারণ করে থাকতে হবে, এবং নিত্যকাল ব্রহ্মে অবস্থান করলে শরীর থাকা সম্ভবপর নয় বলেই তিনি এখন এই আদেশ পেয়েছেন। জাতিস্মরত্বের সাহায্যে ঠাকুর এই সময়েই সম্যক বুঝেছিলেন, তিনি নিত্য-শুদ্ধ-বুদ্ধ-মুক্ত-স্বভাববান আধিকারিক অবতারপুরুষ, বর্তমান যুগের ধর্মগ্লানি দূর করে লোককল্যাণসাধনের জন্যই তাঁকে দেহধারণ ও তপস্যাদি করতে হয়েছে। এ কথাও এই সময়ে তাঁর হৃদয়ঙ্গম হয়েছিল যে, শ্রীশ্রীজগন্মাতা এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই এবার তাঁকে বাহ্যৈশ্বর্যের আড়ম্বরপরিশূন্য ও নিরক্ষর করে দরিদ্র ব্রাহ্মণকুলে এনেছেন, এবং সেই লীলারহস্য তাঁর জীবৎকালে অল্প লোকে বুঝতে পারলেও, যে প্রবল আধ্যাত্মিক তরঙ্গ তাঁর শরীরমনের দ্বারা জগতে উদিত হবে, তা সর্বতোভাবে অমোঘ থাকবে এবং অনন্তকাল জনসাধারণের কল্যাণসাধন করে চলবে।
ব্রহ্মজ্ঞানলাভের আগে সাধকের জাতিস্মরত্বলাভ–সম্বন্ধে শাস্ত্রীয় কথা
ঠাকুরের এমন সব অসাধারণ উপলব্ধি কীভাবে হয়েছিল, তা বুঝতে হলে শাস্ত্রের কয়েকটি কথা আমাদের স্মরণ করতে হবে। শাস্ত্র বলেন, অদ্বৈতভাবের সাহায্যে জ্ঞানস্বরূপে পূর্ণভাবে অবস্থান করার আগে সাধক জাতিস্মরত্ব লাভ করেন।[5] অথবা সেই ভাবের পরিপাকে তাঁর স্মৃতি তখন এতটা পরিণত অবস্থায় পৌঁছয় যে, এর আগে তিনি যেভাবে যেখানে যতবার শরীর পরিগ্রহ করে যা কিছু সুকৃত-দুষ্কৃতের অনুষ্ঠান করেছিলেন, সে সব কথা তাঁর স্মরণপথে উদিত হয়। ফলে সংসারের সব বিষয়ের নশ্বরতা ও রূপরসাদি ভোগসুখের পিছনে ধাবিত হয়ে বারংবার একইভাবে জন্মপরিগ্রহের নিষ্ফলতা সম্যক প্রত্যক্ষ হয়, তাঁর মনে তীব্র বৈরাগ্য জাগে, এবং সেই বৈরাগ্যের সাহায্যে তাঁর প্রাণ সর্বপ্রকার বাসনা থেকে একেবারে পৃথক হয়ে দাঁড়ায়।
ব্রহ্মজ্ঞানলাভে সাধকের সর্বপ্রকার যোগবিভূতি ও সিদ্ধসংকল্পত্ব–লাভ সম্বন্ধে শাস্ত্রীয় কথা
উপনিষদ বলেন,[6]এমন পুরুষ সিদ্ধসংকল্প হন, এবং দেব, পিতৃ প্রভৃতি যখন যে লোক প্রত্যক্ষ করতে তাঁর ইচ্ছা হয়, তখনই তাঁর মন সমাধি-বলে সেই সব লোক সাক্ষাৎ প্রত্যক্ষ করতে পারে। মহামুনি পতঞ্জলি তাঁর যোগশাস্ত্রে এ বিষয়ের উল্লেখ করে বলেছেন যে, এমন পুরুষের সর্বপ্রকার বিভূতি বা যোগৈশ্বর্যের আপনা থেকেই উদয় হয়। পঞ্চদশীকার সায়ন-মাধব এমন পুরুষের বাসনারাহিত্য এবং যোগৈশ্বর্যলাভ—উভয় কথার সামঞ্জস্য করে বলেছেন যে, তেমন বিচিত্র ঐশ্বর্য লাভ করলেও অন্তরে বিন্দুমাত্র বাসনা না থাকায় তাঁরা সেই সব শক্তি কখনও প্রয়োগ করেন না। পুরুষ সংসারে যে অবস্থায় থাকতে থাকতে ব্রহ্মজ্ঞান লাভ করে, জ্ঞানলাভের পরে সেই অবস্থাতেই কাল কাটায়। কারণ চিত্ত সর্বপ্রকারে বাসনাশূন্য হওয়ায়, সেই অবস্থার পরিবর্তন করতে পারলেও তার আবশ্যকতা সে কিছুমাত্র অনুভব করে না। আধিকারিক পুরুষেরাই[7] কেবল সর্বতোভাবে ঈশ্বরেচ্ছাধীন থেকে বহুজনহিতায় সেই শক্তিগুলি সময়ে সময়ে প্রয়োগ করেন।
সেই শাস্ত্রকথা অনুসারে ঠাকুরের জীবনালোচনায় তাঁর অপূর্ব উপলব্ধিগুলির কারণ বোঝা যায়
সেই শাস্ত্রীয় কথাগুলি মনে রেখে ঠাকুরের বর্তমান জীবন আলোচনা করলে তাঁর এই সময়ের বিচিত্র অনুভূতিগুলি সম্যক না হলেও অনেকাংশে বোঝা যায়। বোঝা যায় যে, তিনি ভগবৎপাদপদ্মে অন্তর দিয়ে সর্বস্ব সমর্পণ করে সর্বপ্রকারে বাসনাপরিশূন্য হয়েছিলেন বলেই অত অল্প সময়ে ব্রহ্মজ্ঞানের নির্বিকল্প ভূমিতে উঠতে এবং দৃঢ়প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। বোঝা যায়, জাতিস্মরত্ব লাভ করেই তিনি এই সময়ে সাক্ষাৎ প্রত্যক্ষ করেছিলেন যে, পূর্ব পূর্ব যুগে যিনি ‘শ্রীরাম’ এবং ‘শ্রীকৃষ্ণ’-রূপে আবির্ভূত হয়ে লোককল্যাণসাধন করেছিলেন, তিনিই বর্তমানকালে পুনরায় শরীর পরিগ্রহ করে ‘শ্রীরামকৃষ্ণ’-রূপে আবির্ভূত হয়েছেন। বোঝা যায়, লোককল্যাণসাধনের জন্য পরবর্তী জীবনে তাঁর মধ্যে বিচিত্র বিভূতির প্রকাশ নিত্য দেখতে পেলেও কেন আমরা তাঁকে নিজের শরীরমনের সুখস্বাচ্ছন্দ্যের জন্য সেই সব দিব্যশক্তি প্রয়োগ করতে কখনও দেখতে পাই না। বোঝা যায়, কেন তিনি সংকল্প করামাত্রই আধ্যাত্মিক তত্ত্বসমূহ প্রত্যক্ষ করার শক্তি অপরের মধ্যে জাগিয়ে তুলতে পারতেন, এবং কেনই বা তাঁর দিব্যপ্রভাব দিন দিন পৃথিবীর সব দেশে অপূর্ব আধিপত্য লাভ করছে।
ঠাকুরের সেই উপলব্ধিগুলি যুগপৎ উপস্থিত না হওয়ার কারণ
অদ্বৈতভাবে দৃঢ়প্রতিষ্ঠিত হয়ে ভাবরাজ্যে অবরোহণ করার সময় ঠাকুর এভাবে নিজের জীবনের ভূতভবিষ্যৎ সম্যক উপলব্ধি করেছিলেন। কিন্তু সেই উপলব্ধিগুলি যে সহসা একদিন তাঁর মধ্যে এসেছিল, তা বোধ হয় না। আমাদের অনুমান, ভাব-ভূমিতে অবরোহণের পরে এক বছরের মধ্যে তিনি সেই সব কথা সম্যক বুঝতে পেরেছিলেন। শ্রীশ্রীজগন্মাতা সেই সময়ে তাঁর চোখের সামনে থেকে আবরণের পর আবরণ তুলে দিনে দিনে তাঁকে এসব কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন। ওই উপলব্ধিগুলি তাঁর মনে কেন যুগপৎ উপস্থিত হয়নি, তার কারণ জিজ্ঞাসা করলে আমাদের বলতে হয়—অদ্বৈতভাবে অবস্থান করে গভীর ব্রহ্মানন্দসম্ভোগে তিনি এই সময়ে নিরন্তর ব্যাপৃত ছিলেন। সুতরাং যতদিন না তাঁর মন পুনরায় বহির্মুখী বৃত্তি অবলম্বন করল, ততদিন সেই সব বিষয় উপলব্ধি করার অবসর এবং প্রবৃত্তি তাঁর হয়নি। সাধনকালের শুরুতে ঠাকুর শ্রীশ্রীজগন্মাতার কাছে যে প্রার্থনা করেছিলেন, ‘মা, আমি কী করব, তা কিছুই জানি না, তুই স্বয়ং আমাকে যা শেখাবি তা-ই শিখব’—সেই প্রার্থনাই এভাবে এই সময়ে পূর্ণ হয়েছিল।
অদ্বৈতভাবলাভ করাই সকল সাধনের উদ্দেশ্য—ঠাকুরের এই উপলব্ধি
অদ্বৈতভাবভূমিতে আরূঢ় হয়ে ঠাকুর এই সময়ে আর একটি বিষয়ও উপলব্ধি করেছিলেন। তিনি হৃদয়ঙ্গম করেছিলেন যে, অদ্বৈতভাবে সুপ্রতিষ্ঠিত হওয়াই সর্বপ্রকার সাধনভজনের চরম উদ্দেশ্য। কারণ ভারতে প্রচলিত প্রধান প্রধান সব ধর্মসম্প্রদায়ের মতাবলম্বনে সাধন করে তিনি আগেই প্রত্যক্ষ করেছিলেন, সেগুলির প্রত্যেকটিই সাধককে সেই ভূমির দিকে এগিয়ে নিয়ে যায়। সেইজন্য অদ্বৈতভাবের কথা জিজ্ঞাসা করলে তিনি আমাদের বারংবার বলতেন, “ও শেষ কথা রে, শেষ কথা; ঈশ্বর-প্রেমের চরম পরিণতিতে সর্বশেষে ওটা সাধকজীবনে আপনা থেকেই এসে উপস্থিত হয়; জানবি, সব মতেরই ও শেষ কথা, এবং যত মত তত পথ।”
সেই উপলব্ধি তাঁর আগে অন্য কেউ পূর্ণভাবে করেনি
এভাবে অদ্বৈতভাব উপলব্ধি করে ঠাকুরের মন অসীম উদারতা লাভ করেছিল। ঈশ্বরলাভকে যারা মানবজীবনের উদ্দেশ্য বলে শিক্ষা দেয়, এমন সব সম্প্রদায়ের প্রতি তাঁর মন এখন অপূর্ব সহানুভূতিশীল হয়ে উঠল। কিন্তু প্রথমে তাঁর এ কথা হৃদয়ঙ্গম হয়নি যে, এমন উদারতা ও সহানুভূতি তাঁর সম্পূর্ণ নিজস্ব সম্পত্তি, এবং পূর্বযুগের কোনো সাধকাগ্রণী তা তাঁর মতো পূর্ণভাবে লাভ করতে পারেননি। দক্ষিণেশ্বর কালীবাড়িতে এবং প্রসিদ্ধ তীর্থগুলিতে নানা সম্প্রদায়ের প্রবীণ সাধকদের সঙ্গে মেলামেশা করে তিনি ক্রমে সে কথা উপলব্ধি করেছিলেন। কিন্তু তখন থেকে তিনি অপরের মধ্যে ধর্মের একদেশী ভাব দেখলেই প্রাণে বিষম আঘাত পেয়ে এমন হীনবুদ্ধি দূর করতে সর্বতোভাবে চেষ্টা করতেন।
অদ্বৈতবিজ্ঞানে প্রতিষ্ঠিত ঠাকুরের মনের উদারতা সম্বন্ধে দৃষ্টান্ত—তাঁর ইসলাম ধর্মসাধন
অদ্বৈতবিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে ঠাকুরের মন তখন কেমন উদারভাবসম্পন্ন হয়েছিল, তা আমরা এই সময়ের একটি ঘটনা থেকে স্পষ্ট বুঝতে পারি। আমরা দেখেছি, সেই ভাবসাধনে সিদ্ধ হওয়ার পরে ঠাকুরের শরীর কয়েক মাসের জন্য রোগাক্রান্ত হয়েছিল। সেই ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার পরে এই ঘটনাটি ঘটেছিল।
গোবিন্দ রায় নামে এক ব্যক্তি এই সময়ের কিছুকাল আগে থেকে ধর্মান্বেষণ শুরু করেছিলেন। হৃদয় বলত, ইনি জাতিতে ক্ষত্রিয় ছিলেন। সম্ভবত ফারসি ও আরবি ভাষায় এঁর ব্যুৎপত্তি ছিল। ধর্ম সম্বন্ধে নানা মতামত আলোচনা করে এবং নানা সম্প্রদায়ের সঙ্গে মিশে ইনি শেষ পর্যন্ত ইসলামধর্মের উদার মতে আকৃষ্ট হলেন এবং যথারীতি দীক্ষা গ্রহণ করলেন। ধর্মপিপাসু গোবিন্দ ইসলামধর্মমত গ্রহণ করলেও তার সামাজিক নিয়মপদ্ধতি কতটা অনুসরণ করতেন, বলতে পারি না। কিন্তু দীক্ষা গ্রহণ করার পর থেকে তিনি যে কোরানপাঠে এবং কোরানে বলা প্রণালীতে সাধনভজনে মহোৎসাহে নিযুক্ত ছিলেন, এ কথা আমরা শুনেছি। গোবিন্দ প্রেমিক ছিলেন। বোধ হয়, ইসলামের সুফি সম্প্রদায়ের প্রচলিত শিক্ষা এবং ভাবের সাহায্যে ঈশ্বরের উপাসনা করার পদ্ধতি তাঁর হৃদয় অধিকার করেছিল। কারণ সেই সম্প্রদায়ের দরবেশদের মতো তিনি এখন ভাবসাধনে অহোরাত্র নিযুক্ত থাকতেন।
সুফি গোবিন্দ রায়ের আগমন
যেভাবেই হোক, গোবিন্দ এখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসে উপস্থিত হলেন, এবং সাধনানুকূল স্থান বুঝে পঞ্চবটীর শান্তিপ্রদ ছায়ায় আসন পেতে কিছুকাল কাটাতে লাগলেন। রানী রাসমণির কালীবাড়িতে তখন হিন্দু সংসারত্যাগীদের মতো মুসলমান ফকিরদেরও সমাদর ছিল, এবং জাতিধর্মনির্বিশেষে সব সম্প্রদায়ের ত্যাগী ব্যক্তিরা এখানে সমানভাবে আতিথ্য পেতেন। তাই এখানে থাকার সময় গোবিন্দকে অন্যত্র ভিক্ষাটনাদি করতে হত না, এবং ইষ্টচিন্তায় নিযুক্ত থেকে তিনি সানন্দে দিন কাটাতেন।
গোবিন্দের সঙ্গে আলাপ করে ঠাকুরের সংকল্প
প্রেমিক গোবিন্দকে দেখে ঠাকুর তাঁর প্রতি আকৃষ্ট হলেন, এবং তাঁর সঙ্গে আলাপ করে গোবিন্দের সরল বিশ্বাস ও প্রেমে মুগ্ধ হলেন। এইভাবে ঠাকুরের মন এখন ইসলামধর্মের প্রতি আকৃষ্ট হল, এবং তিনি ভাবতে লাগলেন, ‘এও তো ঈশ্বরলাভের এক পথ, অনন্ত-লীলাময়ী মা এ পথ দিয়েও তো কত লোককে তাঁর শ্রীপাদপদ্মলাভে ধন্য করছেন; কীভাবে তিনি এই পথ দিয়ে তাঁর আশ্রিতদের কৃতার্থ করেন, তা দেখতে হবে; গোবিন্দের কাছে দীক্ষিত হয়ে এ ভাবসাধন শুরু করব।’
গোবিন্দের কাছ থেকে দীক্ষাগ্রহণ করে সাধনে ঠাকুরের সিদ্ধিলাভ
যে চিন্তা, সেই কাজ। ঠাকুর গোবিন্দকে নিজের অভিপ্রায় জানালেন, এবং দীক্ষা গ্রহণ করে যথাবিধি ইসলামধর্মসাধন শুরু করলেন। ঠাকুর বলতেন, “তখন ‘আল্লা’-মন্ত্র জপ করতাম, মুসলমানদের মতো কাছা খুলে কাপড় পরতাম; ত্রিসন্ধ্যা নমাজ পড়তাম, এবং হিন্দুভাব মন থেকে একেবারে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীকে প্রণাম করা দূরে থাকুক, দর্শন করতে পর্যন্ত প্রবৃত্তি হত না। এভাবে তিন দিন কাটার পরে ওই মতের সাধনফল সম্যক হস্তগত হয়েছিল।” ইসলামধর্মসাধনের সময় ঠাকুর প্রথমে এক দীর্ঘশ্মশ্রুধারী, সুগম্ভীর, জ্যোতির্ময় পুরুষপ্রবরের দিব্যদর্শন পেয়েছিলেন। পরে তাঁর মন সগুণ বিরাট ব্রহ্মকে উপলব্ধি করে তুরীয় নির্গুণ ব্রহ্মে লীন হয়ে গিয়েছিল।
মুসলমানধর্মসাধনের সময় ঠাকুরের আচরণ
হৃদয় বলত, মুসলমানধর্মসাধনের সময় ঠাকুর মুসলমানদের প্রিয় খাবারগুলি, এমনকি গো-মাংস পর্যন্ত খেতে চেয়েছিলেন। মথুরামোহনের সানুনয় অনুরোধেই তখন তিনি সে কাজ থেকে নিরস্ত হয়েছিলেন। বালকস্বভাব ঠাকুরের এই ইচ্ছা অন্তত আংশিক পূর্ণ না হলে তিনি কখনও নিরস্ত হবেন না ভেবে, মথুর সেই সময়ে এক মুসলমান পাচক আনিয়ে তার নির্দেশে এক ব্রাহ্মণকে দিয়ে মুসলমানদের প্রণালীতে খাবার রান্না করিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিলেন। মুসলমানধর্মসাধনের সময় ঠাকুর কালীবাড়ির ভিতরে একবারও পদার্পণ করেননি। তার বাইরে অবস্থিত মথুরামোহনের কুঠিতেই বাস করেছিলেন।
ভারতে হিন্দু ও মুসলমান জাতি কালক্রমে ভ্রাতৃভাবে মিলিত হবে, ঠাকুরের ইসলামমত–সাধনে এ কথা বোঝা যায়
বেদান্তসাধনে সিদ্ধ হয়ে ঠাকুরের মন অন্যান্য ধর্মসম্প্রদায়ের প্রতি কেমন সহানুভূতিশীল হয়েছিল, তা সেই ঘটনা থেকে বোঝা যায়, এবং এ কথাও হৃদয়ঙ্গম হয় যে, একমাত্র বেদান্তবিজ্ঞানে বিশ্বাসী হয়েই ভারতের হিন্দু ও মুসলমানকুল পরস্পরের প্রতি সহানুভূতিশীল এবং ভ্রাতৃভাবে নিবদ্ধ হতে পারে। নইলে, ঠাকুর যেমন বলতেন, “হিন্দু ও মুসলমানের মধ্যে যেন একটা পর্বত-ব্যবধান রয়েছে—পরস্পরের চিন্তাপ্রণালী, ধর্মবিশ্বাস ও কার্যকলাপ এতকাল একসঙ্গে বাস করেও পরস্পরের কাছে সম্পূর্ণ দুর্বোধ্য হয়ে রয়েছে।” সেই পাহাড় যে একদিন অন্তর্হিত হবে এবং উভয়ে প্রেমে পরস্পরকে আলিঙ্গন করবে, যুগাবতার ঠাকুরের মুসলমানধর্মসাধন কি তারই সূচনা করে গেল?
পরবর্তী কালে ঠাকুরের মনে অদ্বৈত–স্মৃতি কতটা প্রবল ছিল
নির্বিকল্প ভূমিতে প্রতিষ্ঠিত হওয়ার ফলে তখন থেকে ঠাকুর দ্বৈত ভূমির সীমার মধ্যে অবস্থিত বিষয় ও ব্যক্তিদের দেখলে অনেক সময় তাঁর অদ্বৈতস্মৃতি সহসা প্রবুদ্ধ হয়ে উঠত, এবং তাঁকে তুরীয়ভাবে লীন করে দিত। তিনি সংকল্প না করলেও অতি সামান্য উদ্দীপনায় তাঁর এমন অবস্থা হতে আমরা দেখেছি। অতএব বলা বাহুল্য, তখন থেকে তিনি সংকল্প করামাত্র সেই ভূমিতে আরোহণ করতে পারতেন। অদ্বৈতভাব যে তাঁর কতটা অন্তরের পদার্থ ছিল, তা এ থেকে স্পষ্ট বোঝা যায়। এখানে এমন কয়েকটি ঘটনার উল্লেখ করলেই পাঠক বুঝতে পারবেন, সেই ভাব তাঁর হৃদয়ে যেমন দুরবগাহ, তেমনই দূরপ্রসারী ছিল।
এ বিষয়ের কয়েকটি দৃষ্টান্ত
(১) বৃদ্ধ ঘেসেড়া
দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রশস্ত বাগান বর্ষাকালে ঘাসে ঢেকে যায় বলে মালীদের তরিতরকারি বোনার বিশেষ অসুবিধা হয়। সেজন্য ঘেসেড়াদের সেই সময়ে ঘাস কেটে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। একজন বৃদ্ধ ঘেসেড়া একদিন এভাবে বিনামূল্যে ঘাস নেওয়ার অনুমতি পেয়ে সানন্দে সারাদিন সেই কাজ করার পর বিকেলে মোট বেঁধে বাজারে বিক্রি করতে যাবার উপক্রম করছিল। ঠাকুর দেখতে পেলেন, লোভে পড়ে সে এত ঘাস কেটেছে যে, সেই ঘাসের বোঝা নিয়ে যাওয়া বৃদ্ধের শক্তিতে কুলোবে না। দরিদ্র ঘেসেড়া কিন্তু সে কথা একটুও বুঝতে না পেরে বড় বোঝাটি মাথায় তুলে নেওয়ার জন্য নানাভাবে বারবার চেষ্টা করেও তা ওঠাতে পারছিল না। তা দেখতে দেখতে ঠাকুরের ভাবাবেশ হল। ভাবলেন, অন্তরে পূর্ণজ্ঞানস্বরূপ আত্মা বিদ্যমান এবং বাইরে এত নির্বুদ্ধিতা, এত অজ্ঞান। ‘হে রাম, তোমার বিচিত্র লীলা!’ —বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হলেন।
(২) আহত পতঙ্গ
একদিন ঠাকুর দেখলেন, একটি পতঙ্গ (ফড়িং) উড়ে আসছে, এবং তার গুহ্যদেশে একটি লম্বা কাঠি বিঁধে রয়েছে। কোনো দুষ্টু ছেলে এমন করেছে ভেবে তিনি প্রথমে ব্যথিত হলেন। কিন্তু পরক্ষণেই ভাবাবিষ্ট হয়ে ‘হে রাম, তুমি নিজের দুর্দশা নিজে করেছ’ বলে হাসির রোল তুললেন।
(৩) পদদলিত নবীন দূর্বাদল
এক সময়ে কালীবাড়ির বাগানের একটি জায়গা নবীন দূর্বাদলে সমাচ্ছন্ন হয়ে দেখতে রমণীয় হয়েছিল। ঠাকুর তা দেখতে দেখতে ভাবাবিষ্ট হয়ে এত তন্ময় হয়ে গিয়েছিলেন যে, সেই জায়গাটিকে সর্বতোভাবে নিজের অঙ্গ বলে অনুভব করছিলেন। এমন সময়ে সহসা একজন লোক সেই জায়গার উপর দিয়ে অন্যত্র যেতে লাগল। এতে তিনি অসহ্য যন্ত্রণা অনুভব করে একেবারে অস্থির হয়ে পড়লেন। সেই ঘটনার কথা তুলে তিনি আমাদের বলেছিলেন, “বুকের উপর দিয়ে কেউ চলে গেলে যেমন যন্ত্রণা অনুভব হয়, তখন ঠিক সেইরকম যন্ত্রণা অনুভব করেছিলাম। অমন ভাবাবস্থা বড়ই যন্ত্রণাদায়ক, আমার সেটা মাত্র ছয় ঘণ্টা ছিল, তাতেই অস্থির হয়ে পড়েছিলাম।”
(৪) নৌকায় দুই মাঝির পরস্পর কলহে ঠাকুরের নিজের শরীরে আঘাতানুভব
কালীবাড়ির চাঁদনি-যুক্ত বড় ঘাটে দাঁড়িয়ে ঠাকুর একদিন ভাবাবেশে গঙ্গা দর্শন করছিলেন। ঘাটে তখন দুখানি নৌকা লেগেছিল, এবং মাঝিরা কোনো একটা বিষয় নিয়ে পরস্পর ঝগড়া করছিল। ঝগড়া ক্রমে বেড়ে উঠল, এবং সবল লোকটি দুর্বলের পিঠে বিষম এক চড় মারল। অমনি ঠাকুর চিৎকার করে কেঁদে উঠলেন। তাঁর সেই কাতর কান্না কালীঘরে হৃদয়ের কানে সহসা যেতেই সে দ্রুত পায়ে সেখানে এসে দেখল, তাঁর পিঠ আরক্তিম হয়েছে এবং ফুলে উঠেছে। ক্রোধে অধীর হয়ে হৃদয় বারবার বলতে লাগল, “মামা, কে তোমায় মেরেছে দেখিয়ে দাও, আমি তার মাথাটা ছিঁড়ে নিই।” পরে ঠাকুর কিছুটা শান্ত হলে, মাঝিদের বিবাদ থেকে তাঁর পিঠে আঘাতজনিত বেদনাচিহ্ন দেখা দিয়েছে শুনে হৃদয় স্তম্ভিত হয়ে ভাবতে লাগল, এও কি কখনও সম্ভবপর! ঘটনাটি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় ঠাকুরের শ্রীমুখে শুনে আমাদের বলেছিলেন। ঠাকুরের সম্বন্ধে এমন অনেক ঘটনার[8] উল্লেখ করা যেতে পারে।
[1] গুরুভাব – পূর্বার্ধ, ২য় অধ্যায়।
[2] গুরুভাব – উত্তরার্ধ, ২য় অধ্যায়।
[3] এই গ্রন্থের অষ্টম অধ্যায় দেখো।
[4] গুরুভাব – পূর্বার্ধ, ৩য় অধ্যায়।
[5] সংস্কারসাক্ষাৎকরণাৎ পূর্বজাতিজ্ঞানং। – পাতঞ্জল সূত্র, বিভূতিপাদ, ১৮শ সূত্র।
[6] ছান্দোগ্যোপনিষদ, ৮ম প্রপাঠক, ২য় খণ্ড।
[7] লোককল্যাণসাধনের জন্য যাঁরা বিশেষ অধিকার বা শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন।
[8] গুরুভাব – পূর্বার্ধ, ২য় অধ্যায়।
ভৈরবী ব্রাহ্মণী ও হৃদয়ের সঙ্গে ঠাকুরের কামারপুকুরে গমন
প্রায় ছয় মাস ধরে ভুগে ঠাকুরের শরীর অবশেষে ব্যাধির হাত থেকে মুক্ত হল এবং মন ভাবমুখে দ্বৈতাদ্বৈতভূমিতে অবস্থান করতে অনেকাংশে অভ্যস্ত হয়ে এল। কিন্তু তাঁর শরীর তখনও আগের মতো সুস্থ ও সবল হয়নি। সুতরাং বর্ষায় গঙ্গার জল লবণাক্ত হলে বিশুদ্ধ পানীয়ের অভাবে তাঁর পেটের অসুখ আবার দেখা দেওয়ার সম্ভাবনার কথা ভেবে মথুরবাবু প্রমুখ সকলে স্থির করলেন, কয়েক মাসের জন্য তাঁর জন্মভূমি কামারপুকুরে যাওয়াই শ্রেয়। তখন সন ১২৭৪ সালের জ্যৈষ্ঠ মাস হবে। মথুরপত্নী ভক্তিমতী জগদম্বা দাসী ঠাকুরের কামারপুকুরের সংসার শিবের সংসারের মতো চির-দরিদ্র বলে জানতেন। তাই সেখানে গিয়ে ‘বাবা’কে যাতে কোনো জিনিসের অভাবে কষ্ট পেতে না হয়, এমনভাবে তন্ন তন্ন করে সব কিছু গুছিয়ে তাঁর সঙ্গে দেওয়ার আয়োজন করতে লাগলেন।[1] তারপর শুভমুহূর্ত এলে ঠাকুর যাত্রা করলেন। হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণী তাঁর সঙ্গে গেলেন। তাঁর বৃদ্ধা জননী কিন্তু গঙ্গাতীরে বাস করবেন বলে আগে যে সংকল্প করেছিলেন, তাতেই স্থির থেকে দক্ষিণেশ্বরে রয়ে গেলেন।
ঠাকুরকে তাঁর আত্মীয়–বন্ধুরা যেভাবে দেখেছিল
এর আগে প্রায় আট বছর ঠাকুর কামারপুকুরে আসেননি; সুতরাং বলা বাহুল্য, তাঁর আত্মীয়স্বজন তাঁকে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। কখনও স্ত্রীবেশ ধরে ‘হরি হরি’ করছেন, কখনও সন্ন্যাসী হয়েছেন, কখনও ‘আল্লা আল্লা’ বলছেন—তাঁর সম্বন্ধে এমন নানা কথা মাঝে মাঝে তাঁদের কানে আসত; তাই বলতে হবে না, তাঁদের তেমন উদ্গ্রীব হওয়ার বিশেষ কারণ ছিল। কিন্তু ঠাকুর তাঁদের মধ্যে আসামাত্র তাঁদের চোখ-কানের বিবাদভঞ্জন হল। তাঁরা দেখলেন, তিনি আগে যেমন ছিলেন এখনও তেমনই আছেন। সেই অমায়িকতা, সেই প্রেমপূর্ণ হাসি-পরিহাস, সেই কঠোর সত্যনিষ্ঠা, সেই ধর্মপ্রাণতা, সেই হরিনামে বিহ্বল হয়ে আত্মহারা হওয়া—সে সবই তাঁর মধ্যে আগের মতো পূর্ণমাত্রায় রয়েছে, কেবল কী একটা অদৃষ্টপূর্ব অনির্বচনীয় দিব্যাবেশ তাঁর শরীর-মনকে সর্বদা এমন সমুদ্ভাসিত করে রেখেছে যে, সহসা তাঁর সম্মুখীন হতে এবং তিনি নিজে কথা না তুললে ক্ষুদ্র সংসারের বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলাপ-পরিচয় করতে তাঁদের অন্তরে বিষম সংকোচ আসে। তা ছাড়া আর একটি বিষয় তাঁরা তখন বিশেষভাবে লক্ষ করেছিলেন, তা এই। তাঁরা দেখেছিলেন, তাঁর কাছে থাকলে সংসারের সব দুর্ভাবনা কোথায় সরে গিয়ে তাঁদের প্রাণে একটি ধীর স্থির আনন্দ ও শান্তির ধারা প্রবাহিত হতে থাকে, এবং দূরে গেলে আবার তাঁর কাছে যাওয়ার জন্য একটা অজ্ঞাত আকর্ষণে তাঁরা প্রবলভাবে আকৃষ্ট হন।
শ্রীশ্রীমার কামারপুকুরে আগমন
সে যা হোক, বহুকাল পরে তাঁকে পেয়ে এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাটবাজার বসল, এবং নববধূকে আনিয়ে সুখের মাত্রা পূর্ণ করার জন্য রমণীদের নির্দেশে ঠাকুরের শ্বশুরবাড়ি জয়রামবাটী গ্রামে লোক পাঠানো হল। ঠাকুর এ বিষয় জানতে পেরে এতে বিশেষ সম্মতি বা আপত্তি কিছুই প্রকাশ করলেন না। বিয়ের পর নববধূর ভাগ্যে একবার মাত্র স্বামিসন্দর্শন লাভ হয়েছিল। কারণ, তাঁর বয়স যখন সাত বছর, তখন কুলপ্রথা অনুসারে ঠাকুরকে একদিন জয়রামবাটীতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তখন তিনি নিতান্ত বালিকা; সুতরাং সেই ঘটনা সম্বন্ধে তাঁর এইটুকুমাত্রই মনে ছিল যে, হৃদয়ের সঙ্গে ঠাকুর তাঁর পিত্রালয়ে এলে বাড়ির কোনো এক নিভৃত অংশে লুকিয়েও তিনি পরিত্রাণ পাননি। কোথা থেকে অনেকগুলি পদ্মফুল এনে হৃদয় তাঁকে খুঁজে বের করেছিল এবং লজ্জায় ও ভয়ে তিনি নিতান্ত সংকুচিত হলেও তাঁর পাদপদ্ম পূজা করেছিল। সেই ঘটনার প্রায় ছয় বছর পরে তাঁর তেরো বছর বয়সে তাঁকে কামারপুকুরে প্রথম নিয়ে যাওয়া হয়। সেবার তাঁকে সেখানে এক মাস থাকতেও হয়েছিল। কিন্তু ঠাকুর ও ঠাকুরের জননী তখন দক্ষিণেশ্বরে থাকায় দুজনের কাউকেই দেখা তাঁর ভাগ্যে ঘটেনি। তার ছয় মাস আন্দাজ পরে আবার শ্বশুরবাড়িতে এসে দেড় মাস থেকেও সেই একই কারণে তিনি তাঁদের কাউকেই দেখতে পাননি। সেখান থেকে তাঁর পিত্রালয়ে ফেরার মাত্র তিন-চার মাস পরেই এখন সংবাদ এল—ঠাকুর এসেছেন, তাঁকে কামারপুকুরে যেতে হবে। তিনি তখন ছয়-সাত মাস হল চোদ্দো বছরে পা দিয়েছেন। তাই বলতে গেলে বিয়ের পরে এটিই তাঁর প্রথম স্বামিসন্দর্শন।
আত্মীয়স্বজন ও বাল্যবন্ধুদের সঙ্গে ঠাকুরের এই সময়ের আচরণ
কামারপুকুরে ঠাকুর এবার ছয়-সাত মাস ছিলেন। তাঁর বাল্যবন্ধুরা এবং গ্রামের পরিচিত স্ত্রী-পুরুষ সকলে আগের মতো তাঁর সঙ্গে মেলামেশা করে তাঁকে প্রীত করতে চেষ্টা করতেন। ঠাকুরও বহুকাল পরে তাঁদের দেখে পরিতুষ্ট হয়েছিলেন। দীর্ঘকাল কঠোর পরিশ্রমের পর অবসর পেলে চিন্তাশীল মনীষীরা বালক-বালিকাদের অর্থহীন উদ্দেশ্যরহিত খেলাধুলায় যোগ দিয়ে যেমন আনন্দ পান, কামারপুকুরের স্ত্রী-পুরুষ সকলের ক্ষুদ্র সাংসারিক জীবনে যোগ দিয়ে ঠাকুর এই সময়ে তেমনই আনন্দ পেয়েছিলেন। তবে এ কথা নিশ্চয় বলা যায় যে, ইহজীবনের নশ্বরতা অনুভব করে তারা যাতে সংসারে থেকেও ধীরে ধীরে সংযত হতে এবং সব বিষয়ে ঈশ্বরের উপর নির্ভর করতে শেখে, সে বিষয়ে তিনি সর্বদা দৃষ্টি রাখতেন। ক্রীড়া, কৌতুক, হাসি-পরিহাসের ভিতর দিয়ে তিনি আমাদের নিরন্তর এইসব বিষয় যেভাবে শিক্ষা দিতেন, তা থেকে আমরা সেই কথা অনুমান করতে পারি।
গ্রামবাসীদের মধ্যে কোনো কোনো ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে ঠাকুরের কথা
আবার এই ক্ষুদ্র পল্লির অন্তর্গত ক্ষুদ্র সংসারে থেকে কেউ কেউ ধর্মজীবনে আশাতীত অগ্রসর হয়েছে দেখে তিনি ঈশ্বরের অচিন্ত্য মহিমা-ধ্যানে মুগ্ধ হয়েছিলেন। এ বিষয়ের একটি ঘটনার কথা তিনি বহুবার আমাদের বলতেন। ঠাকুর বলতেন—এই সময়ে একদিন তিনি খাওয়াদাওয়ার পর নিজের ঘরে বিশ্রাম করছেন। প্রতিবেশী কয়েকজন রমণী তাঁকে দর্শন করতে এসেছিলেন এবং কাছে বসে তাঁর সঙ্গে ধর্ম সম্বন্ধে নানা প্রশ্ন ও আলাপ করছিলেন। সেই সময়ে সহসা তাঁর ভাবাবেশ হয় এবং অনুভূতি হতে থাকে, তিনি যেন মীনরূপে সচ্চিদানন্দসাগরে পরমানন্দে ভাসছেন, ডুবছেন এবং নানাভাবে সন্তরণক্রীড়া করছেন। কথা বলতে বলতে তিনি অনেক সময়ে এভাবে ভাবাবেশে মগ্ন হতেন। সুতরাং রমণীরা সেদিকে কিছুমাত্র মন না দিয়ে চলতি প্রসঙ্গে নিজ নিজ মতামত প্রকাশ করে গণ্ডগোল করতে লাগলেন। তাঁদের মধ্যে একজন অন্যদের এমন করতে নিষেধ করে ঠাকুরের ভাবাবেশ যতক্ষণ না ভাঙে, ততক্ষণ স্থির হয়ে থাকতে বললেন। বললেন, “উনি (ঠাকুর) এখন মীন হয়ে সচ্চিদানন্দসাগরে সাঁতার কাটছেন, গোলমাল করলে ওঁর ওই আনন্দে ব্যাঘাত হবে।” রমণীর কথায় অনেকে তখন বিশ্বাস না করলেও সকলে নিস্তব্ধ হয়ে রইলেন। পরে ভাবভঙ্গ হলে ঠাকুরকে সে কথা জিজ্ঞাসা করলে তিনি বললেন, “রমণী সত্যিই বলেছে। আশ্চর্য, কী করে ব্যাপারটা জানতে পারল!”
কামারপুকুরবাসীদেরকে ঠাকুরের অপূর্ব নতুনভাবে দেখার কারণ
বোঝা যায়, কামারপুকুর পল্লির নরনারীর দৈনন্দিন জীবন ঠাকুরের কাছে তখন অনেকাংশে নবীন বলে বোধ হয়েছিল। বিদেশ থেকে বহুকাল পরে ফিরে আসা মানুষের যেমন স্বদেশের প্রত্যেক ব্যক্তি ও বিষয়কে নতুন বলে বোধ হয়, ঠাকুরের এই সময়ে অনেকটা তেমনই হয়েছিল। কারণ, ঠাকুর কেবল আট বছর মাত্র জন্মভূমি থেকে দূরে থাকলেও সেই সময়ের মধ্যে তাঁর অন্তরে সাধনার প্রবল ঝটিকা বয়ে গিয়ে তাতে আমূল পরিবর্তন ঘটিয়েছিল। তখন তিনি নিজেকে ভুলেছিলেন, জগৎ ভুলেছিলেন এবং দূরাৎ সুদূরে দেশকালের সীমার বাইরে গিয়ে, পুনরায় তার ভিতরে ফেরার সময় সর্বভূতে ব্রহ্মদৃষ্টি নিয়ে এসে সকল ব্যক্তি ও বিষয়কে অপূর্ব নবীনভাবে দেখতে পেয়েছিলেন। এ কথা দর্শনপ্রসিদ্ধ যে, চিন্তাশ্রেণিসমূহের পারম্পর্য থেকেই আমাদের কালের অনুভূতি এবং তার দৈর্ঘ্য-স্বল্পতাদি পরিমাণের উপলব্ধি হয়। সেজন্য অল্প সময়ের মধ্যে প্রভূত চিন্তারাশির অন্তরে উদয় ও লয় হলে সেই কাল আমাদের কাছে সুদীর্ঘ বলে প্রতীত হয়। সেই আট বছরে ঠাকুরের অন্তরে কী বিপুল চিন্তারাশি প্রকটিত হয়েছিল, তা ভাবলে আশ্চর্য হতে হয়! সুতরাং সেই কাল যে তাঁর কাছে এক যুগতুল্য বলে অনুভূত হবে, এতে বিচিত্র কিছু নেই।
জন্মভূমির সঙ্গে ঠাকুরের চিরপ্রেমসম্বন্ধ
কামারপুকুরের স্ত্রী-পুরুষ সকলকে ঠাকুর কী অদ্ভুত প্রেমবন্ধনে আবদ্ধ করেছিলেন, তা ভাবলে বিস্মিত হতে হয়। গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ি থেকে আরম্ভ করে ব্রাহ্মণ, কামার, সূত্রধর, সুবর্ণবণিক প্রভৃতি সব জাতের প্রতিবেশীদের পরিবারের স্ত্রী-পুরুষ সকলেই তাঁর সঙ্গে শ্রদ্ধাপূর্ণ প্রেমসম্বন্ধে বাঁধা ছিল। শ্রীযুক্ত ধর্মদাস লাহার সরলহৃদয়া ভক্তিমতী বিধবা কন্যা প্রসন্ন ও ঠাকুরের বাল্যসখা, ধর্মদাসের পুত্র গয়াবিষ্ণু লাহা, সরলবিশ্বাসী শ্রীনিবাস শাঁখারী, পাইনদের বাড়ির ভক্তিপরায়ণ রমণীরা, ঠাকুরের ভিক্ষামাতা কামারকন্যা ধনী প্রভৃতি অনেকের ভক্তি-ভালোবাসার কথা ঠাকুর বিশেষ প্রীতির সঙ্গে অনেক সময় আমাদের বলতেন এবং আমরাও শুনে মুগ্ধ হতাম। এঁরা সকলে প্রায় সর্বক্ষণ তাঁর কাছে থাকতেন। বিষয়কর্ম বা গৃহকর্মের দায়ে যাঁরা তা পারতেন না, তাঁরা সকালে, সন্ধ্যায় বা দুপুরে অবসর পেলেই এসে উপস্থিত হতেন। রমণীরা তাঁকে খাইয়ে পরম পরিতৃপ্তি পেতেন, তাই নানারকম খাবারদাবার নিজেদের সঙ্গে নিয়ে তাঁর কাছে আসতেন। গ্রামবাসীদের এইসব মধুর আচরণ এবং আত্মীয়স্বজনের মধ্যে থেকেও ঠাকুর নিরন্তর কেমন দিব্য ভাবাবেশে থাকতেন, সেসব কথার আভাস আমরা অন্যত্র পাঠককে দিয়েছি,[2]সেজন্য পুনরুল্লেখ নিষ্প্রয়োজন।
ঠাকুরের নিজের পত্নীর প্রতি কর্তব্যপালনের আরম্ভ
কামারপুকুরে এসে ঠাকুর এই সময়ে একটি সুমহৎ কর্তব্যপালনে যত্নপরায়ণ হয়েছিলেন। নিজের পত্নী তাঁর কাছে আসুন বা না আসুন, সে সম্বন্ধে ঠাকুর উদাসীন থাকলেও, পত্নী যখন তাঁর সেবা করতে কামারপুকুরে এসে উপস্থিত হলেন, তখন তিনি তাঁকে শিক্ষাদীক্ষাদি দিয়ে তাঁর কল্যাণসাধনে তৎপর হলেন। ঠাকুরকে বিবাহিত জেনে শ্রীমদাচার্য তোতাপুরী তাঁকে এক সময়ে বলেছিলেন, “তাতে কী আসে যায়? স্ত্রী কাছে থাকলেও যার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তিই ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হয়েছে, স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলে সর্বক্ষণ দেখতে ও সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন, তাঁরই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হয়েছে; স্ত্রী-পুরুষে ভেদদৃষ্টিসম্পন্ন অপর সকলে সাধক হলেও ব্রহ্মবিজ্ঞান থেকে বহুদূরে রয়েছে।” শ্রীমৎ তোতার সেই কথা ঠাকুরের মনে জেগে উঠে তাঁকে বহুকালের সাধনলব্ধ নিজের বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজের পত্নীর কল্যাণসাধনে প্রবৃত্ত করেছিল।
এ বিষয়ে ঠাকুর কতটা সুসিদ্ধ হয়েছিলেন
কোনো কাজ কর্তব্য বলে বিবেচনা করলে ঠাকুর কখনও তা উপেক্ষা করতে বা অর্ধসম্পন্ন করে ফেলে রাখতে পারতেন না; এ ক্ষেত্রেও তেমনই হয়েছিল। ঐহিক, পারত্রিক সব বিষয়ে সর্বতোভাবে তাঁর মুখাপেক্ষী বালিকা-পত্নীকে শিক্ষা দিতে এগিয়ে তিনি সে কাজ অর্ধনিষ্পন্ন রেখে ক্ষান্ত হননি। দেবতা, গুরু ও অতিথি প্রভৃতির সেবা এবং গৃহকর্মে পত্নী যাতে কুশল হন, টাকার সদ্ব্যবহার করতে পারেন এবং সর্বোপরি ঈশ্বরে সর্বস্ব সমর্পণ করে দেশ-কাল-পাত্র ভেদে সকলের সঙ্গে ব্যবহার করতে নিপুণ হয়ে ওঠেন,[3]সে বিষয়ে তখন থেকে ঠাকুর বিশেষ লক্ষ রাখতেন। অখণ্ড ব্রহ্মচর্যসম্পন্ন নিজের আদর্শ জীবন সামনে রেখে ওইভাবে শিক্ষাদানের ফল কতটা ও কেমন হয়েছিল, তার আভাস আমরা অন্যত্র দিয়েছি। অতএব এখানে সংক্ষেপে এ কথাই বললে চলবে যে, শ্রীমতী মাতাঠাকুরানী ঠাকুরের কামগন্ধরহিত বিশুদ্ধ প্রেম লাভ করে সর্বতোভাবে পরিতৃপ্ত হয়ে সাক্ষাৎ ইষ্টদেবতাজ্ঞানে ঠাকুরকে আজীবন পূজা করতে এবং তাঁর শ্রীপদানুসারিণী হয়ে নিজের জীবন গড়ে তুলতে পেরেছিলেন।
পত্নীর প্রতি ঠাকুরের এইরকম আচরণদর্শনে ব্রাহ্মণীর আশঙ্কা ও ভাবান্তর
ঠাকুর যখন পত্নীর প্রতি কর্তব্যপালনে অগ্রসর হলেন, তখন ভৈরবী ব্রাহ্মণী অনেক সময় তাঁকে বুঝতে পারতেন না। ঠাকুর যখন শ্রীমৎ তোতার সঙ্গে মিলিত হয়ে সন্ন্যাসগ্রহণ করেন, তখন ব্রাহ্মণী তাঁকে সেই কাজ থেকে বিরত করার চেষ্টা করেছিলেন।[4]তাঁর মনে হয়েছিল, সন্ন্যাসী হয়ে অদ্বৈততত্ত্বের সাধনে অগ্রসর হলে ঠাকুরের হৃদয় থেকে ঈশ্বরপ্রেম একেবারে উচ্ছেদ হয়ে যাবে। সেরকমই কোনো আশঙ্কা এই সময়ে তাঁর হৃদয় অধিকার করেছিল। বোধ হয়, তিনি ভেবেছিলেন, ঠাকুর নিজের পত্নীর সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে মেলামেশা করলে তাঁর ব্রহ্মচর্যের হানি হবে। ঠাকুর কিন্তু আগের বারের মতো এবারও ব্রাহ্মণীর উপদেশ মেনে চলতে পারেননি। বোঝা যায়, ব্রাহ্মণী তাতে নিতান্ত ক্ষুণ্ণ হয়েছিলেন। কিন্তু সেখানেই এই বিষয়ের পরিসমাপ্তি হয়নি। সেই ঘটনায় তাঁর অভিমান প্রতিহত হয়ে ক্রমে অহংকারে পরিণত হয়েছিল এবং কিছুকালের জন্য সেই অহংকার তাঁকে ঠাকুরের প্রতি শ্রদ্ধাবিহীন করে তুলেছিল। হৃদয়ের কাছে শুনেছি, সময়ে সময়ে তিনি এর প্রকাশ্য পরিচয় পর্যন্ত দিয়ে বসতেন। যেমন—আধ্যাত্মিক বিষয়ে কোনো প্রশ্ন তাঁর কাছে উত্থাপন করে যদি কেউ বলত, শ্রীরামকৃষ্ণদেবকে সে কথা জিজ্ঞাসা করে তাঁর মতামত নেবে, তাহলে ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে বলে বসতেন, “সে আবার বলবে কী? তার চক্ষুদান তো আমিই করেছি!” আবার সামান্য কারণে এবং সময়ে সময়ে বিনা কারণে বাড়ির স্ত্রীলোকদের উপর অসন্তুষ্ট হয়ে তিরস্কার করে বসতেন। ঠাকুর কিন্তু তাঁর এমন কথা বা অন্যায় অত্যাচারে অবিচলিত থেকে তাঁকে আগের মতো ভক্তিশ্রদ্ধা করা থেকে বিরত হননি। তাঁর নির্দেশে শ্রীমতী মাতাঠাকুরানী ব্রাহ্মণীকে শাশুড়ির তুল্য জেনে ভক্তিপ্রীতির সঙ্গে সর্বদা তাঁর সেবাযত্ন করতেন এবং তাঁর কোনো কথা বা কাজের কখনও প্রতিবাদ করতেন না।
অভিমান–অহংকারের বৃদ্ধিতে ব্রাহ্মণীর বুদ্ধিনাশ
অভিমান, অহংকার বেড়ে উঠলে বুদ্ধিমান মানুষেরও মতিভ্রম দেখা দেয়। অতএব এমন অহংকার পদে পদে প্রতিহত হতে দেখেই মানব তার বিপরীত ফল অবশ্যম্ভাবী বলে জানতে পারে এবং তা ত্যাগ করে নিজের কল্যাণসাধনের সুযোগ পায়। বিদুষী সাধিকা ব্রাহ্মণীরও এখন তা-ই হল। অহংকারের বশবর্তী হয়ে তিনি ‘যেখানে যেমন, সেখানে তেমন’ ব্যবহার করতে না পেরে এই সময়ে একদিন বিষম অনর্থ ঘটিয়েছিলেন।
এ বিষয়ের ঘটনা
শ্রীনিবাস শাঁখারীর কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। উচ্চ জাতিতে জন্মপরিগ্রহ না করলেও শ্রীনিবাস ভগবদ্ভক্তিতে অনেক ব্রাহ্মণের চেয়ে বড় ছিলেন। শ্রীশ্রীরঘুবীরের প্রসাদ পাওয়ার জন্য ইনি এই সময়ে একদিন ঠাকুরের কাছে এলেন। ভক্ত শ্রীনিবাসকে পেয়ে ঠাকুর এবং তাঁর পরিবারের সকলে সেদিন বিশেষ আনন্দিত হলেন। ভক্তিমতী ব্রাহ্মণীও শ্রীনিবাসের বিশ্বাসভক্তি দেখে পরিতুষ্ট হলেন। দুপুর পর্যন্ত নানা ভক্তিপ্রসঙ্গে কাটল এবং শ্রীশ্রীরঘুবীরের ভোগরাগাদি সম্পূর্ণ হলে শ্রীনিবাস প্রসাদ পেতে বসলেন। খাওয়ার পর প্রচলিত প্রথামতো তিনি নিজের উচ্ছিষ্ট পরিষ্কার করতে গেলে ব্রাহ্মণী তাঁকে নিষেধ করলেন এবং বললেন, “আমরাই ওটা করব এখন।” ব্রাহ্মণী বারবার এমন বলায় শ্রীনিবাস অগত্যা নিরস্ত হয়ে নিজের বাড়ি চলে গেলেন।
ব্রাহ্মণীর সঙ্গে হৃদয়ের কলহ
সমাজ-প্রবল পল্লিগ্রামে সামান্য সামাজিক নিয়মভঙ্গ নিয়ে অনেক সময় বিষম গণ্ডগোল এবং দলাদলির সৃষ্টি হয়। এবারও সেরকম হওয়ার উপক্রম হল। কারণ, ব্রাহ্মণকন্যা ভৈরবী শ্রীনিবাসের উচ্ছিষ্ট মোচন করবেন, এই নিয়ে ঠাকুরকে দর্শন করতে আসা পাড়ার ব্রাহ্মণকন্যারা বিশেষ আপত্তি করতে লাগলেন। ভৈরবী ব্রাহ্মণী তাঁদের সেই আপত্তি স্বীকার করতে সম্মত হলেন না। ক্রমে গণ্ডগোল বেড়ে উঠল এবং ঠাকুরের ভাগনে হৃদয় সে কথা শুনতে পেল। সামান্য বিষয় নিয়ে বিষম গোল বাধার সম্ভাবনা দেখে হৃদয় ব্রাহ্মণীকে সেই কাজ থেকে বিরত হতে বললেও তিনি তার কথা শুনলেন না। তখন ব্রাহ্মণী ও হৃদয়ের মধ্যে তুমুল বিবাদ বেধে গেল। হৃদয় উত্তেজিত হয়ে বলল, “অমন করলে তোমাকে ঘরে থাকতে জায়গা দেব না।” ব্রাহ্মণীও ছাড়বার পাত্রী নন, বললেন—“না দিলে ক্ষতি কী? শীতলার ঘরে[5] মনসা[6] শোবে এখন!” তখন বাড়ির অন্য সকলে মধ্যস্থ হয়ে নানা অনুনয়-বিনয়ে ব্রাহ্মণীকে সেই কাজ থেকে নিরস্ত করে বিবাদ মিটিয়ে দিলেন।
নিজের ভ্রম বুঝতে পেরে ব্রাহ্মণীর অপরাধের আশঙ্কা, অনুতাপ ও ক্ষমা চেয়ে কাশীগমন
অভিমানিনী ব্রাহ্মণী সেদিন নিরস্ত হলেও অন্তরে বিষম আঘাত পেয়েছিলেন। ক্রোধের উপশম হলে তিনি শান্তভাবে চিন্তা করে নিজের ভ্রম বুঝতে পারলেন এবং ভাবলেন, এখানে যখন এমন মতিভ্রম ঘটছে, তখন এরপর এখানে তাঁর আর থাকা শ্রেয় নয়। সদসদ্বিচারসম্পন্ন বিবেকী সাধক যখন অন্তরদর্শনে নিযুক্ত হন, চিত্তের কোনো মলিন ভাবই তখন তাঁর কাছে আত্মগোপন করতে পারে না—ব্রাহ্মণীরও এখন তেমনই হল। ঠাকুরের প্রতি নিজের ভাবপরিবর্তন আলোচনা করে তিনি তারও মূলে আত্মদোষ দেখতে পেলেন এবং মনে মনে সাতিশয় অনুতপ্ত হলেন। তারপর কয়েক দিন কেটে গেলে একদিন তিনি ভক্তিভরে বিবিধ পুষ্পমাল্য স্বহস্তে রচনা ও চন্দনচর্চিত করে শ্রীগৌরাঙ্গজ্ঞানে ঠাকুরকে মনোহর বেশে ভূষিত করলেন এবং সর্বান্তঃকরণে ক্ষমাপ্রার্থনা করলেন। পরে সংযত হয়ে মনপ্রাণ ঈশ্বরে অর্পণ করলেন এবং কামারপুকুর পিছনে ফেলে কাশীধামের পথ ধরলেন। ছয় বছরের কিছু বেশি সময় ঠাকুরের সঙ্গে নিরন্তর থাকার পরে ব্রাহ্মণী তাঁর কাছ থেকে বিদায় নিয়েছিলেন।
ঠাকুরের কলিকাতায় প্রত্যাগমন
এমন করে প্রায় সাত মাস নানাভাবে কামারপুকুরে কাটিয়ে সম্ভবত সন ১২৭৪ সালের অগ্রহায়ণ মাসে ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে এলেন। তাঁর শরীর তখন আগের মতো সুস্থ ও সবল হয়ে উঠেছিল। এখানে ফেরার অল্পদিন পরে তাঁর জীবনে একটি বিশেষ ঘটনা ঘটেছিল। তার কথা আমরা এখন পাঠককে বলব।
[1] গুরুভাব – উত্তরার্ধ, ১ম অধ্যায়।
[2] গুরুভাব – উত্তরার্ধ, ১ম অধ্যায়।
[3] গুরুভাব – পূর্বার্ধ, ২য় অধ্যায় এবং ৪র্থ অধ্যায়।
[4] গুরুভাব – পূর্বার্ধ, ২য় অধ্যায়।
[5] অর্থাৎ দেবমন্দিরে।
[6] ব্রাহ্মণী এভাবে ক্রুদ্ধ সাপের সঙ্গে নিজের তুলনা করেন।
ঠাকুরের তীর্থযাত্রা স্থির হওয়া
মথুরবাবু এই সময়ে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে পুণ্যতীর্থগুলি দর্শনে যেতে অভিলাষী হয়েছিলেন। তাঁর পরিবারের লোকজন এবং গুরুপুত্র প্রমুখ অন্য অনেকে সঙ্গে যাবেন বলে স্থির হয়েছিল। সস্ত্রীক মথুরামোহন ঠাকুরকে সঙ্গে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতে লাগলেন। ফলে বৃদ্ধা জননী[1] এবং ভাগনে হৃদয়কে নিয়ে ঠাকুর তাঁদের সঙ্গে যেতে সম্মত হলেন।
এই যাত্রার সময়নিরূপণ
তারপর শুভদিন এসেছে দেখে মথুরবাবু ঠাকুরপ্রমুখ সকলকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন। তখন সন ১২৭৪ সালের মাঘ মাসের মধ্যভাগ, ইংরেজি ১৮৬৮ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি তারিখ হবে। ঠাকুরের তীর্থযাত্রা সম্বন্ধে অনেক কথা আমরা পাঠককে অন্যত্র বলেছি।[2] সেজন্য হৃদয়ের কাছে এ সম্বন্ধে যা শুনেছি, কেবলমাত্র তারই এখানে উল্লেখ করে ক্ষান্ত হব।
এই যাত্রার বন্দোবস্ত
হৃদয় বলত, শতাধিক লোককে সঙ্গে নিয়ে মথুরবাবু এই সময়ে তীর্থদর্শনে যাত্রা করেছিলেন। দ্বিতীয় শ্রেণির একখানি এবং তৃতীয় শ্রেণির তিনখানি গাড়ি রেলওয়ে কোম্পানির কাছ থেকে রিজার্ভ (reserve) করে নেওয়া হয়েছিল, এবং বন্দোবস্ত ছিল, কলিকাতা থেকে কাশীর মধ্যে যে-কোনো জায়গায় এই চারখানি গাড়ি ইচ্ছামতো কাটিয়ে নিয়ে মথুরবাবু কয়েকদিন থাকতে পারবেন।
৺বৈদ্যনাথদর্শন ও দরিদ্রসেবা
দেওঘরে ৺বৈদ্যনাথজীকে দর্শন ও পূজাদি করার জন্য মথুরবাবু কয়েকদিন থাকলেন। একটি বিশেষ ঘটনা এখানে ঘটেছিল। এখানকার এক দরিদ্র পল্লির স্ত্রী-পুরুষদের দুর্দশা দেখে করুণায় ঠাকুরের হৃদয় বিগলিত হয়েছিল, এবং মথুরবাবুকে বলে তিনি তাদের একদিন খাইয়েছিলেন ও প্রত্যেককে একখানি করে কাপড় দিয়েছিলেন।[3]
পথে বিঘ্ন
বৈদ্যনাথ থেকে শ্রীযুক্ত মথুর একেবারে ৺কাশীধামে গিয়ে পৌঁছলেন। পথে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। কেবল, কাশীর কাছে কোনো এক জায়গায় শ্রীরামকৃষ্ণদেব ও হৃদয় অন্য কাজে গাড়ি থেকে নেমেছিলেন, আর তাঁরা উঠতে না উঠতেই গাড়ি ছেড়ে দিয়েছিল। শ্রীযুক্ত মথুর এতে উতলা হয়ে কাশী থেকে এই মর্মে তার করে পাঠালেন যে, পরের গাড়িতে যেন তাঁদের পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পরের গাড়ির জন্য তাঁদের অপেক্ষা করতে হয়নি। কোম্পানির একজন বিশিষ্ট কর্মচারী শ্রীযুক্ত রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় কোনো এক কাজের তত্ত্বাবধানে একখানি স্বতন্ত্র (special) গাড়িতে করে অল্পক্ষণ পরেই সেখানে এসে উপস্থিত হলেন, এবং তাঁরা বিপদে পড়েছেন দেখে নিজের গাড়িতে তাঁদের তুলে নিয়ে কাশীধামে নামিয়ে দিলেন। রাজেন্দ্রবাবু কলিকাতায় বাগবাজার পাড়ায় থাকতেন।
কেদারঘাটে অবস্থান ও ৺বিশ্বনাথদর্শন
কাশীধামে পৌঁছে মথুরবাবু কেদারঘাটের উপরে পাশাপাশি দুখানি বাড়ি ভাড়া নিলেন। পূজা, দান প্রভৃতি সব বিষয়ে তিনি এখানে মুক্তহস্তে ব্যয় করেছিলেন।[4] এই কারণে, এবং বাড়ির বাইরে কোথাও যাওয়ার সময় রুপোর ছত্র ও আসাসোঁটা প্রভৃতি নিয়ে তাঁর আগে-পিছে দ্বারবানদের যেতে দেখে, লোকে তাঁকে একজন রাজরাজড়া বলে ধারণা করেছিল।
এখানে থাকার সময় শ্রীরামকৃষ্ণদেব পালকিতে চেপে প্রায় প্রতিদিন ৺বিশ্বনাথজীউর দর্শনে যেতেন। হৃদয় তাঁর সঙ্গে যেত। যেতে যেতে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়তেন, দেবদর্শনের সময়ের তো কথাই নেই। এভাবে সব দেবস্থানে তাঁর ভাবাবেশ হলেও কেদারনাথের মন্দিরে তাঁর বিশেষ ভাবাবেশ হত।
ঠাকুর ও শ্রীত্রৈলঙ্গস্বামী
দেবস্থান ছাড়াও ঠাকুর কাশীর বিখ্যাত সাধুদের দর্শন করতে যেতেন। তখনও হৃদয় সঙ্গে থাকত। এভাবেই পরমহংসাগ্রণী শ্রীযুক্ত ত্রৈলঙ্গ স্বামীজীকে দর্শন করতে তিনি একাধিকবার গিয়েছিলেন। স্বামীজী তখন মৌন অবলম্বন করে মণিকর্ণিকার ঘাটে থাকতেন। প্রথম দর্শনের দিন স্বামীজী নিজের নস্যদানি ঠাকুরের সামনে ধরে ঠাকুরকে অভ্যর্থনা করেছিলেন ও সম্মান দেখিয়েছিলেন, এবং ঠাকুর তাঁর ইন্দ্রিয় ও অবয়বগুলির গঠন লক্ষ করে হৃদয়কে বলেছিলেন, “এঁর মধ্যে যথার্থ পরমহংসের লক্ষণগুলি রয়েছে, ইনি সাক্ষাৎ বিশ্বেশ্বর।” স্বামীজী তখন মণিকর্ণিকার পাশে একটি ঘাট বাঁধিয়ে দেওয়ার সংকল্প করেছিলেন। ঠাকুরের অনুরোধে হৃদয় কয়েক কোদাল মাটি সেখানে ফেলে সেই কাজে সাহায্য করেছিল। তারপর ঠাকুর একদিন স্বামীজীকে দেখতে গিয়ে স্বহস্তে পায়সান্ন খাইয়ে দিয়েছিলেন।[5]
৺প্রয়াগধামে ঠাকুরের আচরণ
পাঁচ-সাত দিন কাশীতে থেকে ঠাকুর মথুরের সঙ্গে প্রয়াগে গিয়ে পুণ্যসঙ্গমে স্নান ও ত্রিরাত্রি বাস করেছিলেন। মথুরপ্রমুখ সকলে সেখানে শাস্ত্রীয় বিধান অনুসারে মস্তক মুণ্ডন করলেও ঠাকুর তা করেননি। বলেছিলেন, “আমার করবার আবশ্যক নেই।” প্রয়াগ থেকে মথুরবাবু আবার ৺কাশীতে ফিরে এলেন, এবং এক পক্ষকাল সেখানে কাটিয়ে শ্রীবৃন্দাবনদর্শনে রওনা হলেন।
শ্রীবৃন্দাবনে নিধুবনাদি স্থান দর্শন
শ্রীবৃন্দাবনে মথুর নিধুবনের কাছে একটি বাড়িতে ছিলেন। কাশীর মতো এখানেও তিনি মুক্তহস্তে দান করেছিলেন, এবং পত্নীকে সঙ্গে নিয়ে দেবস্থানগুলি দর্শন করতে গিয়ে প্রত্যেক জায়গায় কয়েকটি করে গিনি প্রণামী দিয়েছিলেন। নিধুবন ছাড়াও ঠাকুর এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ও গিরিগোবর্ধন দর্শন করেছিলেন। শেষোক্ত স্থানে তিনি ভাবাবেশে গিরিশৃঙ্গে উঠেছিলেন। এখানে তিনি খ্যাতনামা সাধক-সাধিকাদের দর্শন করতে গিয়েছিলেন, এবং নিধুবনে গঙ্গামাতার দর্শন পেয়ে পরম পরিতুষ্ট হয়েছিলেন। হৃদয়কে গঙ্গামাতার অঙ্গের লক্ষণগুলি দেখিয়ে ঠাকুর বলেছিলেন, “এঁর বিশেষ উচ্চাবস্থা লাভ হয়েছে।”
৺কাশীতে প্রত্যাগমন ও স্থিতি
এক পক্ষকাল আন্দাজ শ্রীবৃন্দাবনে কাটিয়ে মথুরপ্রমুখ সকলে আবার কাশীধামে এলেন, এবং ৺বিশ্বনাথের বিশেষ বেশ দর্শনের জন্য ১২৭৫ সালের বৈশাখ মাস পর্যন্ত রইলেন। এই সময়ে ঠাকুর এখানে সুবর্ণময়ী অন্নপূর্ণা প্রতিমা দর্শন করেছিলেন।
কাশীতে ব্রাহ্মণীকে দর্শন—ব্রাহ্মণীর শেষ কথা
কাশীধামে যোগেশ্বরী নামের ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে ঠাকুরের আবার দেখা হয়েছিল, এবং চৌষট্টিযোগিনী নামের পাড়ায় তাঁর আবাসে তিনি কয়েকবার গিয়েছিলেন। ব্রাহ্মণী সেখানে মোক্ষদা নামে এক রমণীর সঙ্গে বাস করছিলেন। সেই রমণীর ভক্তি-বিশ্বাস দেখে ঠাকুর পরিতুষ্ট হয়েছিলেন। শ্রীবৃন্দাবন যাওয়ার সময় ব্রাহ্মণী ঠাকুরের সঙ্গে গিয়েছিলেন। ব্রাহ্মণীকে ঠাকুর এবার থেকে শ্রীবৃন্দাবনে থাকতে বলেছিলেন। হৃদয় বলত, ঠাকুর সেখান থেকে ফেরার অল্পদিন পরে ব্রাহ্মণী শ্রীবৃন্দাবনে দেহরক্ষা করেছিলেন।
বীনকার মহেশকে দেখতে যাওয়া
শ্রীবৃন্দাবনে থাকার সময় ঠাকুরের বীণা শুনতে ইচ্ছা হয়েছিল, কিন্তু তখন সেখানে কোনো বীণকার উপস্থিত না থাকায় তা পূর্ণ হয়নি। কাশীতে ফেরার পর তাঁর মনে আবার সেই ইচ্ছা জাগল, এবং শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামে একজন অভিজ্ঞ বীণকারের বাড়িতে হৃদয়ের সঙ্গে গিয়ে তিনি তাঁকে বীণা শোনানোর জন্য অনুরোধ করলেন। মহেশবাবু কাশীর মদনপুরা নামের পাড়ায় থাকতেন। ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম আহ্লাদে অনেকক্ষণ ধরে বীণা বাজালেন। বীণার মধুর ঝংকার শোনামাত্র ঠাকুর ভাবাবিষ্ট হলেন, পরে অর্ধবাহ্যদশা এলে তাঁকে শ্রীশ্রীজগদম্বার কাছে ‘মা, আমায় হুঁশ দাও, আমি ভালো করে বীণা শুনব’—এই বলে প্রার্থনা করতে শোনা গেল। এই প্রার্থনার পরে তিনি বাহ্যভাবভূমিতে অবস্থান করতে পারলেন, এবং সদানন্দে বীণা শুনতে শুনতে মধ্যে মধ্যে তার সুরের সঙ্গে নিজের স্বর মিলিয়ে গান গাইলেন। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এইভাবে আনন্দে কাটিয়ে মহেশবাবুর অনুরোধে তিনি সেখানে একটু জলযোগ করে মথুরের কাছে ফিরলেন। মহেশবাবু তখন থেকে ঠাকুরকে প্রতিদিন দর্শন করতে আসতেন। ঠাকুর বলতেন—বীণা বাজাতে বাজাতে ইনি একেবারে মত্ত হয়ে উঠতেন।
দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন ও আচরণ
কাশী থেকে শ্রীযুক্ত মথুর গয়াধামে যাওয়ার বাসনা প্রকাশ করলেন। কিন্তু ঠাকুরের তাতে বিশেষ আপত্তি[6] থাকায় তিনি সেই সংকল্প ত্যাগ করে কলিকাতায় ফিরে এলেন। হৃদয় বলত, এভাবে চার মাস তীর্থে ভ্রমণ করে সন ১২৭৫ সালের জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগে ঠাকুর মথুরবাবুর সঙ্গে দক্ষিণেশ্বরে ফিরে এসেছিলেন। শ্রীবৃন্দাবন থেকে ঠাকুর রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের রজ এনেছিলেন। দক্ষিণেশ্বরে এসে তিনি তার কিছু অংশ পঞ্চবটীর চারদিকে ছড়িয়ে দিলেন, এবং অবশিষ্টাংশ নিজের সাধনকুটিরের মধ্যে স্বহস্তে প্রোথিত করে বললেন—“আজ থেকে এই স্থান শ্রীবৃন্দাবনতুল্য দেবভূমি হল।” হৃদয় বলত, এর অল্পদিন পরে তিনি নানা জায়গার বৈষ্ণব গোস্বামী ও ভক্তদের মথুরবাবুকে দিয়ে নিমন্ত্রণ করিয়ে এনে পঞ্চবটীতে মহোৎসবের আয়োজন করেছিলেন। মথুরবাবু তখন গোস্বামীদের ১৬ টাকা এবং বৈষ্ণব ভক্তদের ১ টাকা করে দক্ষিণা দিয়েছিলেন।
হৃদয়ের স্ত্রীর মৃত্যু ও বৈরাগ্য
তীর্থ থেকে ফেরার অল্পকাল পরে হৃদয়ের স্ত্রীর মৃত্যু হল। এই ঘটনায় তার মন সংসারের প্রতি কিছুকালের জন্য বিরাগী হয়ে উঠেছিল। আমরা ইতিপূর্বে বলেছি, হৃদয়রাম ভাবুক ছিল না। নিজের ছোট সংসারের শ্রীবৃদ্ধি করে যথাসম্ভব ভোগ-সুখে দিন কাটানোই তার জীবনের আদর্শ ছিল। ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে তার মনে কখনও কখনও অন্য ভাবের উদয় হলেও তা বেশিক্ষণ স্থায়ী হত না। ভোগবাসনা পরিতৃপ্ত করার কোনো সুযোগ এলেই হৃদয় সব ভুলে তার পিছনে ছুটত, এবং যতক্ষণ না তা পূর্ণ হত, ততক্ষণ তার মনে অন্য চিন্তা প্রবেশ করত না। সেজন্য, হৃদয়ের দক্ষিণেশ্বরে থাকার সময়ে ঠাকুরের সমগ্র সাধন অনুষ্ঠিত হলেও, সে তার অল্পই দেখবার ও বুঝবার সুযোগ পেয়েছিল। এমন হলেও কিন্তু হৃদয় তার মামাকে যথার্থ ভালোবাসত, এবং তাঁর যখন যেমন সেবার আবশ্যক হত, তা সম্পাদন করতে যত্নের ত্রুটি করত না। এর ফলে হৃদয়ের সাহস, বুদ্ধি এবং কার্যকুশলতা বিশেষ প্রস্ফুটিত হয়েছিল। আবার বিখ্যাত সাধকদের কাছে মামার অলৌকিকত্বের কথা শুনে এবং তাঁর মধ্যে দৈবশক্তিগুলির প্রকাশ দেখে তার মনে একটা বিশেষ বলের সঞ্চারও হয়েছিল। সে ভেবেছিল, মামা যখন তার আপনার চেয়েও আপন, এবং সেবা করে যখন সে তাঁর বিশেষ কৃপাপাত্র হয়েছে, তখন আধ্যাত্মিক রাজ্যের ফলগুলি তার একরকম করায়ত্তই রয়েছে। যখনই তার মন সেগুলি লাভ করতে প্রয়াসী হবে, মামা নিজের দৈবশক্তিপ্রভাবে তাকে তখনই সেসব লাভ করিয়ে দেবেন। অতএব পরকাল সম্বন্ধে তার ভাববার আবশ্যকতা নেই। কিছুকাল সংসারসুখ ভোগ করার পরে সে পারত্রিক বিষয়ে মনোনিবেশ করবে। পত্নী-বিয়োগবিধুর হৃদয় ভাবল, এখন সেই সময় উপস্থিত হয়েছে। সে আগের চেয়ে বেশি নিষ্ঠার সঙ্গে শ্রীশ্রীজগদম্বার পূজায় মনোনিবেশ করল, পরনের কাপড় ও পৈতে খুলে রেখে মধ্যে মধ্যে ধ্যান করতে লাগল, এবং ঠাকুরকে ধরে বসল যে, তাঁর মতো আধ্যাত্মিক উপলব্ধিগুলি যাতে তার হয়, তা করে দিতে হবে। ঠাকুর তাকে যত বোঝালেন যে, তার এমন করার আবশ্যক নেই, তাঁর সেবা করলেই তার সব ফল লাভ হবে, এবং হৃদয় ও তিনি দুজনেই যদি দিনরাত ভগবদ্ভাবে বিভোর হয়ে আহার-নিদ্রাদি শরীরের সব কাজকর্ম ভুলে থাকেন, তাহলে কে কাকে দেখবে, ইত্যাদি—সে তাতে কর্ণপাত করল না। ঠাকুর অগত্যা বললেন, “মার যা ইচ্ছা, তাই হোক, আমার ইচ্ছায় কি কিছু হয় রে! —মা-ই আমার বুদ্ধি পালটে দিয়ে আমাকে এমন অবস্থায় এনে অদ্ভুত সব উপলব্ধি করিয়ে দিয়েছেন—মার ইচ্ছা হয় যদি তোরও হবে।”
হৃদয়ের ভাবাবেশ
এই কথাবার্তার কয়েকদিন পরে পূজা ও ধ্যানের সময় হৃদয়ের জ্যোতির্ময় সব দেবমূর্তির দর্শন এবং অর্ধবাহ্যভাব হতে আরম্ভ হল। মথুরবাবু হৃদয়কে একদিন এভাবে ভাবাবিষ্ট দেখে ঠাকুরকে বললেন—“হৃদুর আবার এ কী অবস্থা হল, বাবা?” ঠাকুর তখন তাঁকে বুঝিয়ে বললেন, “হৃদয় ঢং করে অমন করছে না—একটু-আধটু দর্শনের জন্য সে মাকে ব্যাকুল হয়ে ধরেছিল, তাই এমন হচ্ছে। এরকম দেখিয়ে বুঝিয়ে মা আবার তাকে ঠান্ডা করে দেবেন।” মথুর বললেন, “বাবা, এসব তোমারই খেলা, তুমিই হৃদয়ের এমন অবস্থা করে দিয়েছ, তুমিই এখন তার মন ঠান্ডা করে দাও—আমরা দুজনে নন্দীভৃঙ্গীর মতো তোমার কাছে থাকব, সেবা করব, আমাদের ওরকম অবস্থা কেন?”
হৃদয়ের অদ্ভুত দর্শন
মথুরের সঙ্গে ঠাকুরের এই কথাবার্তার কয়েক দিন পরে একদিন রাতে ঠাকুরকে পঞ্চবটী-অভিমুখে যেতে দেখে, তাঁর প্রয়োজন হতে পারে ভেবে, হৃদয় গাড়ু ও গামছা নিয়ে তাঁর পিছন পিছন যেতে লাগল। যেতে যেতে হৃদয়ের এক অপূর্ব দর্শন হল। সে দেখতে লাগল, ঠাকুর স্থূল রক্ত-মাংসের দেহধারী মানুষ নন, তাঁর দেহনিঃসৃত অপূর্ব জ্যোতিতে পঞ্চবটী আলোকিত হয়ে উঠেছে, এবং চলার সময় তাঁর জ্যোতির্ময় পদযুগল ভূমি স্পর্শ না করে শূন্যে শূন্যেই তাঁকে বহন করছে! চোখের দোষে এমন দেখছি ভেবে হৃদয় বারংবার চোখ রগড়াল, চারপাশের পদার্থগুলি নিরীক্ষণ করে আবার ঠাকুরের দিকে তাকাতে লাগল, কিন্তু কিছুতেই কিছু হল না—গাছ, লতা, গঙ্গা, কুটির প্রভৃতি সবকিছুকে আগের মতো দেখতে পেলেও ঠাকুরকে বারবার সেইরকমই দেখতে থাকল! তখন বিস্মিত হয়ে হৃদয় ভাবল, ‘আমার ভিতরে কি কোনো পরিবর্তন ঘটেছে, যাতে এমন দেখছি?’ এই ভেবে সে নিজের দিকে তাকাতেই তার মনে হল, সেও দিব্যদেহধারী জ্যোতির্ময় দেবানুচর, সাক্ষাৎ দেবতার সঙ্গে থেকে চিরকাল তাঁর সেবা করছে। মনে হল, সে যেন সেই দেবতার জ্যোতির্ঘন-অঙ্গসম্ভূত অংশবিশেষ, এবং তাঁর সেবার জন্যই সে ভিন্ন শরীর ধারণ করে পৃথকভাবে অবস্থান করছে। এসব দেখে এবং নিজের জীবনের এই রহস্য হৃদয়ঙ্গম করে তার অন্তরে আনন্দের প্রবল বন্যা বয়ে গেল। সে নিজেকে ভুলল, সংসার ভুলল, পৃথিবীর মানুষ তাকে উন্মাদ বলবে, সে কথা ভুলল, এবং অর্ধবাহ্যভাবাবেশে উন্মত্তের মতো চিৎকার করে বারংবার বলতে লাগল—“ও রামকৃষ্ণ, ও রামকৃষ্ণ, আমরা তো মানুষ নই, আমরা এখানে কেন? চল দেশে দেশে যাই, জীবোদ্ধার করি! তুমি যা, আমিও তাই!”
হৃদয়ের মনের জড়ত্বপ্রাপ্তি
ঠাকুর বলতেন, “তাকে ওভাবে চিৎকার করতে শুনে বললাম, ‘ওরে থাম থাম, অমন বলছিস কেন, কী একটা হয়েছে ভেবে এখনই লোকজন সব ছুটে আসবে।’ কিন্তু সে কি তা শোনে! তখন তাড়াতাড়ি তার কাছে এসে তার বুক ছুঁয়ে বললাম, ‘দে মা, শালাকে জড় করে দে’।”
হৃদয় বলত, ঠাকুর এ কথা বলামাত্র তার সেই দর্শন ও আনন্দ যেন কোথায় লুপ্ত হল, এবং সে আগে যেমন ছিল, আবার তেমনই হয়ে গেল। অপূর্ব আনন্দ থেকে সহসা বিচ্যুত হয়ে তার মন বিষাদে ভরে গেল, এবং সে কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলতে লাগল, “মামা, তুমি কেন অমন করলে, কেন জড় হতে বললে, ওরকম দর্শনানন্দ আমার আর হবে না।” ঠাকুর তা শুনে তাকে বললেন, “আমি কি তোকে একেবারে জড় হতে বলেছি? তুই এখন স্থির হয়ে থাক—এই কথা বলেছি। সামান্য দর্শন পেয়ে তুই যে গোল করলি, তাতেই তো আমাকে ও কথা বলতে হল। আমি যে চব্বিশ ঘণ্টা কত কী দেখি, আমি কি অমন গোল করি? তোর এখনও ওরকম দর্শন করবার সময় হয়নি, এখন স্থির হয়ে থাক, সময় হলে আবার কত কী দেখবি!”
হৃদয়ের সাধনায় বিঘ্ন
ঠাকুরের সেই কথায় হৃদয় নীরব হলেও নিতান্ত ক্ষুণ্ণ হল। পরে অহংকারের বশবর্তী হয়ে সে ভাবল, যেভাবেই হোক সে তেমন দর্শন আবার লাভ করার চেষ্টা করবে। সে ধ্যান-জপের মাত্রা বাড়াল, এবং মনস্থ করল যে, রাতে পঞ্চবটীতলে গিয়ে ঠাকুর আগে যেখানে বসে জপ-ধ্যান করতেন, সেখানে ৺জগদম্বাকে ডাকবে। এই ভেবে একদিন সে গভীর রাতে বিছানা ছেড়ে উঠে পঞ্চবটীতে গেল এবং ঠাকুরের আসনে ধ্যান করতে বসল। কিছুক্ষণ পরে ঠাকুরের মনে পঞ্চবটীতলে আসার বাসনা হল বলে তিনিও সেদিকে আসতে লাগলেন, এবং সেখানে পৌঁছতে না পৌঁছতে শুনতে পেলেন, হৃদয় কাতর চিৎকারে তাঁকে ডাকছে, “মামা গো, পুড়ে মরলাম, পুড়ে মরলাম!” ঠাকুর ত্রস্তপদে এগিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “কী রে, কী হয়েছে?” হৃদয় যন্ত্রণায় অস্থির হয়ে বলতে লাগল, “মামা, এইখানে ধ্যান করতে বসতেই কে যেন এক মালসা আগুন গায়ে ঢেলে দিল, অসহ্য দাহ-যন্ত্রণা হচ্ছে!” ঠাকুর তার গায়ে হাত বুলিয়ে বললেন, “যা, ঠান্ডা হয়ে যাবে, তুই কেন এমন করিস বল দেখি? তোকে বলেছি, আমার সেবা করলেই তোর সব হবে।” হৃদয় বলত, ঠাকুরের হস্তস্পর্শে বাস্তবিক তার সব যন্ত্রণা তখনই শান্ত হল। তারপর সে আর পঞ্চবটীতে ওভাবে ধ্যান করতে যেত না, এবং তার মনে বিশ্বাস হল, ঠাকুর তাকে যে কথা বলেছেন, সে কথার অন্যথা করলে তার ভালো হবে না।
হৃদয়ের ৺দুর্গোৎসব
ঠাকুরের কথায় বিশ্বাস রেখে হৃদয় এখন অনেকটা শান্তিলাভ করলেও ঠাকুরবাড়ির দৈনন্দিন কাজকর্ম তার কাছে আগের মতো রুচিকর বোধ হল না। তার মন নতুন কোনো কাজ করে নবোল্লাস লাভ করার সুযোগ খুঁজতে লাগল। সন ১২৭৫ সালের আশ্বিন মাস এসে পড়েছে দেখে সে নিজের বাড়িতে শারদীয়া পূজা করতে মনস্থ করল। হৃদয়রামের জ্যেষ্ঠ বৈমাত্রেয় ভাই গঙ্গানারায়ণের তখন মৃত্যু হয়েছে, এবং রাঘব মথুরবাবুর জমিদারিতে খাজনা আদায়ের কাজে বেশ দু-পয়সা রোজগার করছে। সময় ফেরায় বাড়িতে যখন নতুন চণ্ডীমণ্ডপখানি তৈরি হচ্ছিল, তখন গঙ্গানারায়ণ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে, একবার ৺জগদম্বাকে এনে সেখানে বসাবেন; কিন্তু সে ইচ্ছা পূর্ণ করার সুযোগ তাঁর হয়নি। হৃদয় তখন তাঁর সেই ইচ্ছা স্মরণ করে তা পূর্ণ করতে যত্নবান হল। কর্মী হৃদয় এই কাজে শান্তিলাভ করতে পারে বুঝে ঠাকুর তাতে সম্মত হলেন, এবং মথুরবাবু হৃদয়ের এই অভিপ্রায় জানতে পেরে তাকে আর্থিক সাহায্য করলেন। শ্রীযুক্ত মথুর এভাবে অর্থসাহায্য করলেন বটে, কিন্তু পূজার সময় ঠাকুরকে নিজের বাড়িতে রাখার জন্য বিশেষ আগ্রহ দেখাতে লাগলেন। হৃদয় এতে ক্ষুণ্ণমনে পূজা করার জন্য একা দেশে যেতে তৈরি হল। যাওয়ার সময় তাকে ক্ষুণ্ণ দেখে ঠাকুর বললেন, “তুই দুঃখ করছিস কেন? আমি রোজ সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখতে যাব, আমাকে আর কেউ দেখতে পাবে না, কিন্তু তুই পাবি। তুই আর একজন ব্রাহ্মণকে তন্ত্রধারক রেখে নিজে নিজের ভাবে পূজা করিস, এবং একেবারে উপবাস না করে দুপুরে দুধ, গঙ্গাজল ও মিছরির শরবত খাস। এমন করে পূজা করলে ৺জগদম্বা তোর পূজা নিশ্চয় গ্রহণ করবেন।” এইভাবে ঠাকুর, কাকে দিয়ে প্রতিমা গড়াতে হবে, কাকে তন্ত্রধারক করতে হবে, কীভাবে অন্য সব কাজ করতে হবে—সব কথা তন্ন তন্ন করে তাকে বলে দিলেন, এবং সে মহানন্দে পূজা করতে যাত্রা করল।
৺দুর্গোৎসবকালে হৃদয়ের ঠাকুরকে দেখা
বাড়িতে এসে হৃদয় ঠাকুরের কথামতো সব কাজের অনুষ্ঠান করল, এবং ষষ্ঠীর দিনে ৺দেবীর বোধন, অধিবাসাদি সবকিছু সম্পন্ন করে নিজেই পূজায় ব্রতী হল। সপ্তমীবিহিত পূজা সাঙ্গ করে রাতে নীরাজন করার সময় হৃদয় দেখতে পেল, ঠাকুর জ্যোতির্ময় শরীরে প্রতিমার পাশে ভাবাবিষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছেন। হৃদয় বলত, এভাবে প্রতিদিন সেই সময়ে এবং সন্ধিপূজাকালে সে দেবীপ্রতিমার পাশে ঠাকুরের দিব্যদর্শন লাভ করে মহোৎসাহে পূর্ণ হয়েছিল। পূজা সাঙ্গ হওয়ার অল্পদিন পরে হৃদয় দক্ষিণেশ্বরে ফিরে এল, এবং এ বিষয়ের সব কথা ঠাকুরকে নিবেদন করল। ঠাকুর তা শুনে তাকে বললেন, “আরতি ও সন্ধিপূজার সময় তোর পূজা দেখবার জন্য বাস্তবিকই প্রাণ ব্যাকুল হয়ে উঠে আমার ভাব হয়ে গিয়েছিল, এবং অনুভব করেছিলাম, যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পথ দিয়ে তোর চণ্ডীমণ্ডপে উপস্থিত হয়েছি।”
৺দুর্গোৎসবের শেষ কথা
হৃদয় বলত, ঠাকুর তাকে একবার ভাবাবিষ্ট হয়ে বলেছিলেন, “তুই তিন বছর পূজা করবি।” —ঘটনাও বাস্তবিক সেইরকমই হয়েছিল। ঠাকুরের কথা না শুনে সে চতুর্থবার পূজার আয়োজন করতে গেলে এমন বিঘ্নপরম্পরা দেখা দিয়েছিল যে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে পূজা বন্ধ করতে হয়েছিল। সে যা হোক, প্রথম বছরের পূজার কিছুকাল পরে হৃদয় আবার বিয়ে করে আগের মতো দক্ষিণেশ্বরের পূজাকার্যে এবং ঠাকুরের সেবায় মনোনিবেশ করেছিল।
[1] কেউ কেউ বলেন, ঠাকুরের জননী তাঁর সঙ্গে তীর্থে যাননি। হৃদয় কিন্তু আমাদের অন্যরকম বলেছিল।
[2] গুরুভাব – উত্তরার্ধ, ৩য় অধ্যায়।
[3] গুরুভাব – পূর্বার্ধ, ৭ম অধ্যায়।
[4] গুরুভাব – উত্তরার্ধ, ৩য় অধ্যায়।
[5] গুরুভাব – উত্তরার্ধ, এবং শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি, ১৪৫ পৃঃ। – প্রঃ
[6] গুরুভাব – উত্তরার্ধ, ৭ম অধ্যায়।
রামকুমার–পুত্র অক্ষয়ের কথা
ঠাকুরের অগ্রজ শ্রীযুক্ত রামকুমারের পুত্র অক্ষয়ের সঙ্গে পাঠককে আমরা আগেই সামান্য পরিচিত করিয়েছি। পূজ্যপাদ আচার্য তোতাপুরীর দক্ষিণেশ্বরে আগমনের অল্পদিন পরে সন ১২৭২ সালের প্রথম ভাগে অক্ষয় দক্ষিণেশ্বরে এসে বিষ্ণুমন্দিরে পূজকের পদ গ্রহণ করেছিল। তখন তার বয়স সতেরো বছর হবে। তার সম্বন্ধে কয়েকটি কথা এখানে বলা প্রয়োজন।
অক্ষয়ের রূপ
জন্মগ্রহণের সময় অক্ষয়ের মায়ের মৃত্যু হওয়ায় মাতৃহীন বালকটি নিজের আত্মীয়স্বজনের বিশেষ আদরের পাত্র হয়েছিল। সন ১২৫৯ সালে ঠাকুর যখন প্রথম কলিকাতায় আসেন, তখন অক্ষয়ের বয়স ছিল মাত্র তিন-চার বছর। তাই সেবার কলিকাতায় আসার আগের দুই-তিন বছর ধরে ঠাকুর অক্ষয়কে কোলে করে মানুষ করার ও সর্বদা আদরযত্ন করার সুযোগ পেয়েছিলেন। অক্ষয়ের বাবা রামকুমার কিন্তু তাকে কখনও কোলে করেননি; কারণ জিজ্ঞাসা করলে বলতেন, “মায়া বাড়াবার প্রয়োজন নেই; এ ছেলে বাঁচবে না!” পরে ঠাকুর যখন সংসার ভুলে, নিজেকে ভুলে সাধনায় নিমগ্ন হলেন, তখন সুন্দর শিশুটি তাঁর অলক্ষ্যে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে আরও প্রিয়দর্শন হয়ে উঠেছিল। ঠাকুর এবং তাঁর অন্যান্য আত্মীয়স্বজনের কাছে শুনেছি, অক্ষয় বাস্তবিকই অতি সুপুরুষ ছিল। তাঁরা বলতেন, অক্ষয়ের দেহের বর্ণ যেমন উজ্জ্বল ছিল, অঙ্গ-প্রত্যঙ্গাদির গঠনও তেমন সুঠাম ও সুললিত ছিল—দেখলে জীবন্ত শিবমূর্তি বলে মনে হত।
অক্ষয়ের শ্রীরামচন্দ্রে ভক্তি ও সাধনানুরাগ
বাল্যকাল থেকে অক্ষয়ের মন শ্রীশ্রীরামচন্দ্রের প্রতি বিশেষ অনুরক্ত ছিল। কুলদেবতা ৺রঘুবীরের সেবায় সে প্রতিদিন অনেক সময় কাটাত। সুতরাং দক্ষিণেশ্বরে এসে অক্ষয় যখন পূজার কাজে ব্রতী হল, তখন নিজের মনের মতো কাজেই নিযুক্ত হয়েছিল। ঠাকুর বলতেন, “শ্রীশ্রীরাধাগোবিন্দজীর পূজা করতে বসে অক্ষয় ধ্যানে এমন তন্ময় হত যে, তখন বিষ্ণুঘরে বহু লোকের সমাগম হলেও সে জানতে পারত না—দুই ঘণ্টা এভাবে কেটে যাওয়ার পরে তার হুঁশ হত!” হৃদয়ের কাছে শুনেছি, মন্দিরের নিত্যপূজা সুসম্পন্ন করার পরে অক্ষয় পঞ্চবটীতলে এসে অনেকক্ষণ শিবপূজায় কাটাত; পরে নিজের হাতে রান্না করে খাওয়াদাওয়া সেরে শ্রীমদ্ভাগবত পাঠে নিবিষ্ট হত। তা ছাড়া নবানুরাগের প্রেরণায় সে এই সময়ে ন্যাস ও প্রাণায়াম এত অতিমাত্রায় করে বসত যে, তাতে তার কণ্ঠতালুদেশ স্ফীত হয়ে কখনও কখনও রক্ত বেরোত। অক্ষয়ের এমন ভক্তি ও ঈশ্বরানুরাগ তাকে ঠাকুরের বিশেষ প্রিয় করে তুলেছিল।
অক্ষয়ের বিবাহ
এভাবে বছরের পর বছর কেটে সন ১২৭৬ সালের অর্ধেকের বেশি পেরিয়ে গেল। অক্ষয়ের মনের ভাব বুঝতে পেরে কাকা রামেশ্বর এবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজতে লাগলেন। কামারপুকুরের অনতিদূরে কুচেকোল নামের গ্রামে উপযুক্ত পাত্রীর সন্ধান পেয়ে রামেশ্বর যখন অক্ষয়কে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণেশ্বরে এলেন, তখন চৈত্র মাস। চৈত্র মাসে যাত্রা নিষিদ্ধ বলে আপত্তি উঠলেও রামেশ্বর তা মানলেন না। বললেন, প্রবাস থেকে নিজের বাড়িতে আসার সময় সেই নিষেধ-বচন মানার আবশ্যকতা নেই। বাড়ি ফেরার অল্পদিন পরে সন ১২৭৬ সালের বৈশাখে অক্ষয়ের বিয়ে হল।
বিবাহের পরে অক্ষয়ের কঠিন পীড়া ও দক্ষিণেশ্বরে প্রত্যাগমন
বিয়ের কয়েক মাস পরে শ্বশুরবাড়ি গিয়ে অক্ষয়ের কঠিন অসুখ হল। শ্রীযুক্ত রামেশ্বর সংবাদ পেয়ে তাকে কামারপুকুরে আনালেন এবং চিকিৎসাপত্র করিয়ে সারিয়ে তুলে আবার দক্ষিণেশ্বরে পাঠিয়ে দিলেন। এখানে এসে তার চেহারা ফিরল এবং স্বাস্থ্যের বিশেষ উন্নতি হচ্ছে বলে মনে হতে লাগল। এমন সময়ে সহসা একদিন অক্ষয়ের জ্বর হল। ডাক্তার-বৈদ্যেরা বলল, সামান্য জ্বর, তাড়াতাড়ি সেরে যাবে।
অক্ষয়ের দ্বিতীয়বার পীড়া—অক্ষয়ের মৃত্যু–ঘটনা আগে থেকে ঠাকুরের জানতে পারা
হৃদয় বলত, অক্ষয় শ্বশুরবাড়িতে অসুস্থ হয়েছে শুনে ঠাকুর আগেই বলেছিলেন, “হৃদু, লক্ষণ বড় খারাপ, রাক্ষসগণ-বিশিষ্ট এক মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, ছোঁড়া মারা যাবে দেখছি!” যা হোক, তিন-চার দিনেও অক্ষয়ের জ্বরের উপশম হতে না দেখে ঠাকুর এবার হৃদয়কে ডেকে বললেন, “হৃদু, ডাক্তারেরা বুঝতে পারছে না অক্ষয়ের বিকার হয়েছে, ভালো চিকিৎসক আনিয়ে আশ মিটিয়ে চিকিৎসা কর, ছোঁড়া কিন্তু বাঁচবে না।”
অক্ষয় বাঁচবে না শুনে হৃদয়ের আশঙ্কা ও আচরণ
হৃদয় বলত, তাঁকে এমন বলতে শুনে আমি বললাম, ‘ছি ছি মামা, তোমার মুখ দিয়ে ওরকম কথাগুলো কেন বেরোল?’ —তা শুনে তিনি বললেন, “আমি কি ইচ্ছা করে অমন বলেছি? মা যেমন জানান ও বলান, ইচ্ছা না থাকলেও আমাকে তেমনি বলতে হয়। আমার কি ইচ্ছা অক্ষয় মারা পড়ে?”
অক্ষয়ের মৃত্যু ও ঠাকুরের আচরণ
ঠাকুরের এমন কথা শুনে হৃদয় বিশেষ উদ্বিগ্ন হল এবং ভালো ভালো চিকিৎসক আনিয়ে অক্ষয়ের অসুখ সারাবার জন্য নানাভাবে চেষ্টা করতে লাগল। রোগ কিন্তু ক্রমশ বাড়তেই লাগল। তারপর প্রায় এক মাস ভোগার পরে অক্ষয়ের অন্তিমকাল এসেছে দেখে ঠাকুর তার শয্যার পাশে গিয়ে বললেন, “অক্ষয়, বল্, গঙ্গা নারায়ণ ওঁ রাম!” অক্ষয় এক দুই করে তিনবার সেই মন্ত্র আবৃত্তি করার পরক্ষণেই তার প্রাণবায়ু দেহ থেকে বেরিয়ে গেল। হৃদয়ের কাছে শুনেছি, অক্ষয়ের মৃত্যু হলে হৃদয় যত কাঁদতে লাগল, ঠাকুর ভাবাবিষ্ট হয়ে তত হাসতে লাগলেন!
অক্ষয়ের মৃত্যুতে ঠাকুরের মনঃকষ্ট
প্রিয়দর্শন পুত্রসদৃশ অক্ষয়ের মৃত্যু উচ্চ ভাবভূমি থেকে দর্শন করে ঠাকুর এভাবে হাসলেও প্রাণে বিষম আঘাত যে অনুভব করেননি, তা নয়। বহুকাল পরে আমাদের কাছে এ ঘটনার উল্লেখ করে তিনি সময়ে সময়ে বলেছেন যে, তখন ভাবাবেশে মৃত্যুটাকে অবস্থান্তরপ্রাপ্তিমাত্র বলে দেখতে পেলেও ভাবভঙ্গ হয়ে সাধারণ ভূমিতে অবরোহণ করার সময় অক্ষয়ের বিয়োগে তিনি বিশেষ অভাব বোধ করেছিলেন।[1] মথুরবাবুর বৈঠকখানা-বাড়িতে অক্ষয় দেহত্যাগ করেছিল বলে তিনি এরপর সেখানে আর কখনও বাস করতে পারেননি।
ঠাকুরের ভ্রাতা রামেশ্বরের পূজকের পদগ্রহণ
অক্ষয়ের মৃত্যুর পরে ঠাকুরের মেজদা শ্রীযুক্ত রামেশ্বর ভট্টাচার্য দক্ষিণেশ্বরে রাধাগোবিন্দজীউর পূজকের পদ গ্রহণ করলেন। কিন্তু সংসারের সবরকম তত্ত্বাবধান তাঁর উপর ন্যস্ত থাকায় তিনি সব সময় দক্ষিণেশ্বরে থাকতে পারতেন না। বিশ্বাসী লোকের হাতে সেই কাজের ভার দিয়ে মধ্যে মধ্যে কামারপুকুর গ্রামে গিয়ে থাকতেন। শুনেছি, শ্রীরামচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীননাথ নামে একজন সেই সময়ে তাঁর স্থলাভিষিক্ত হয়ে এই কাজ করত।
মথুরের সঙ্গে ঠাকুরের রাণাঘাটে গমন ও দরিদ্র–নারায়ণদের সেবা
অক্ষয়ের মৃত্যুর অল্পদিন পরে ঠাকুরকে সঙ্গে নিয়ে শ্রীযুক্ত মথুর নিজের জমিদারি মহলে এবং গুরুগৃহে গিয়েছিলেন। ঠাকুরের মনে অক্ষয়ের বিয়োগজনিত অভাববোধ প্রশমিত করার জন্যই বোধ হয়, তিনি তখন এই উপায় অবলম্বন করেছিলেন। কারণ, পরমভক্ত মথুর এক দিকে যেমন ঠাকুরকে সাক্ষাৎ দেবতাজ্ঞানে সব বিষয়ে তাঁর অনুবর্তী হয়ে চলতেন, অন্য দিকে তেমনই আবার সাংসারিক সব ব্যাপারে তাঁকে অনভিজ্ঞ বালক ভেবে সর্বতোভাবে নিজের রক্ষণীয় মনে করতেন। মথুরের জমিদারি মহল পরিদর্শন করতে গিয়ে ঠাকুর এক জায়গায় গ্রামের স্ত্রী-পুরুষদের দুর্দশা ও অভাব দেখে তাদের দুঃখে কাতর হয়েছিলেন এবং মথুরকে দিয়ে তাদের নিমন্ত্রণ করিয়ে ‘একমাথা করে তেল, এক একখানি নতুন কাপড় এবং পেট পুরে একদিনের খাওয়া’ দান করিয়েছিলেন। হৃদয় বলত, রাণাঘাটের কাছেই কলাইঘাট নামে এক জায়গায় সেই ঘটনা ঘটেছিল। মথুরবাবু সেই সময়ে ঠাকুরকে সঙ্গে নিয়ে নৌকায় করে চূর্ণীর খালে ঘুরে বেড়াচ্ছিলেন।
মথুরের নিজের বাড়ি ও গুরুগৃহ-দর্শন
হৃদয়ের মুখে শুনেছি, সাতক্ষীরার কাছে সোনাবেড়ে নামের গ্রামে মথুরের পৈতৃক ভিটা ছিল। সেই গ্রামের আশপাশের গ্রামগুলি তখন মথুরের জমিদারিভুক্ত ছিল। ঠাকুরকে সঙ্গে নিয়ে মথুর এই সময়ে সেখানে গিয়েছিলেন। এখান থেকে মথুরের গুরুগৃহ বেশি দূরে ছিল না। বিষয়সম্পত্তির ভাগ নিয়ে গুরুবংশীয়দের মধ্যে তখন বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাবার জন্য মথুরকে তাঁরা আমন্ত্রণ করেছিলেন। গ্রামের নাম তালামাগরো। মথুর সেখানে যাওয়ার সময় ঠাকুর ও হৃদয়কে নিজের হাতির পিঠে চড়িয়েছিলেন, আর নিজে গিয়েছিলেন পালকিতে চড়ে।[2] মথুরের গুরুপুত্রদের সযত্ন পরিচর্যায় কয়েক সপ্তাহ এখানে কাটিয়ে ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে এসেছিলেন।
কলুটোলার হরিসভায় ঠাকুরের শ্রীচৈতন্যদেবের আসনাধিকার ও কালনা, নবদ্বীপাদি দর্শন
মথুরের বাড়ি ও গুরুস্থান দর্শন করে ফেরার অল্পকাল পরে ঠাকুরকে নিয়ে কলিকাতায় কলুটোলা নামের পাড়ায় একটি বিশেষ ঘটনা ঘটেছিল। সেই পাড়ার শ্রীযুক্ত কালীনাথ দত্ত বা ধরের বাড়িতে তখন হরিসভার অধিবেশন হত। ঠাকুর নিমন্ত্রিত হয়ে সেখানে গিয়ে ভাবাবেশে শ্রীশ্রীমহাপ্রভুর জন্য নির্দিষ্ট আসন গ্রহণ করেছিলেন। সেই ঘটনার বিস্তারিত বিবরণ আমরা পাঠককে অন্যত্র দিয়েছি।[3] তার অল্পদিন পরে ঠাকুরের শ্রীনবদ্বীপধাম দর্শনের অভিলাষ হওয়ায় মথুরবাবু তাঁকে সঙ্গে নিয়ে কালনা, নবদ্বীপ প্রভৃতি স্থানে গিয়েছিলেন। কালনায় গিয়ে ঠাকুর কীভাবে ভগবানদাস বাবাজী নামের সিদ্ধ ভক্তের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং নবদ্বীপে পৌঁছে তাঁর কেমন অদ্ভুত দর্শন হয়েছিল, সেসব কথা আমরা পাঠককে অন্যত্র বলেছি।[4] সম্ভবত সন ১২৭৭ সালে ঠাকুর এইসব পুণ্যস্থান দর্শন করতে গিয়েছিলেন। নবদ্বীপের কাছে গঙ্গার চড়াগুলির পাশ দিয়ে যাওয়ার সময় ঠাকুরের যেমন গভীর ভাবাবেশ হয়েছিল, নবদ্বীপে গিয়ে তেমনটি হয়নি। মথুরবাবু প্রভৃতি এর কারণ জিজ্ঞাসা করলে ঠাকুর বলেছিলেন, শ্রীশ্রীচৈতন্যদেবের লীলাস্থল পুরোনো নবদ্বীপ গঙ্গাগর্ভে লীন হয়েছে; ওই চড়াগুলির জায়গাতেই সেসব লীলাস্থল বিদ্যমান ছিল, সেজন্যই সেখানে পৌঁছে তাঁর গভীর ভাবাবেশ হয়েছিল।
মথুরের নিষ্কাম ভক্তি
একাদিক্রমে চোদ্দো বছর সর্বান্তঃকরণে ঠাকুরের সেবায় নিযুক্ত থাকার ফলে মথুরবাবুর মন তখন কতদূর নিষ্কাম ভাবে উপনীত হয়েছিল, তার দৃষ্টান্তস্বরূপ হৃদয় আমাদের কাছে একটি ঘটনা বলেছিল। পাঠককে তা এখানে বললে মন্দ হবে না।
এ বিষয়ে দৃষ্টান্ত
এক সময়ে মথুরবাবুর শরীরের এক সন্ধিস্থলে ফোড়া হওয়ায় তিনি শয্যাগত হয়েছিলেন। ঠাকুরকে দেখার জন্য তখন তাঁর অতিশয় আগ্রহ লক্ষ করে হৃদয় সে কথা ঠাকুরকে নিবেদন করল। ঠাকুর শুনে বললেন, “আমি গিয়ে কী করব, তার ফোড়া আরাম করে দেবার আমার কি শক্তি আছে?” ঠাকুরকে যেতে না দেখে মথুর লোক পাঠিয়ে বারবার কাতর প্রার্থনা জানাতে লাগলেন। তাঁর এমন ব্যাকুলতায় ঠাকুরকে অগত্যা যেতে হল। ঠাকুর পৌঁছলে মথুরের আনন্দের অবধি রইল না। তিনি অনেক কষ্টে উঠে তাকিয়ায় ঠেস দিয়ে বসলেন এবং বললেন, “বাবা, একটু পায়ের ধুলো দাও।”
ঠাকুর বললেন, “আমার পায়ের ধুলো নিয়ে কী হবে, তাতে তোমার ফোড়া কি সারবে?”
মথুর তা শুনে বললেন, “বাবা, আমি কি এমনি, তোমার পায়ের ধুলো কি ফোড়া আরাম করার জন্য চাইছি? তার জন্য তো ডাক্তার আছে। আমি ভবসাগর পার হওয়ার জন্য তোমার শ্রীচরণের ধুলো চাইছি।”
এ কথা শোনামাত্র ঠাকুর ভাবাবিষ্ট হলেন। মথুর এই সুযোগে তাঁর চরণে মস্তক স্থাপন করে নিজেকে কৃতার্থ জ্ঞান করলেন—তাঁর দুনয়নে আনন্দাশ্রু ঝরতে লাগল।
ঠাকুরের সঙ্গে মথুরের গভীর প্রেমসম্বন্ধ
মথুরবাবু ঠাকুরকে তখন কতটা ভক্তিবিশ্বাস করতেন, তা নিয়ে নানা কথা আমরা ঠাকুরের এবং হৃদয়ের কাছে শুনেছি। এক কথায় বলতে গেলে, তিনি তাঁকে ইহকাল-পরকালের সম্বল ও গতি বলে দৃঢ় ধারণা করেছিলেন। অন্য দিকে ঠাকুরের কৃপাও তাঁর প্রতি তেমনই অসীম ছিল। স্বাধীনচেতা ঠাকুর মথুরের কোনো কোনো কাজে সময়ে সময়ে বিরক্ত হলেও সে ভাব ভুলে তখনই আবার তাঁর সব অনুরোধ রেখে তাঁর ঐহিক ও পারত্রিক কল্যাণের জন্য চেষ্টা করতেন। ঠাকুর ও মথুরের সম্বন্ধ যে কত গভীর প্রেমপূর্ণ ও অবিচ্ছেদ্য ছিল, তা নিম্নলিখিত ঘটনায় বোঝা যায় –
এ বিষয়ে দৃষ্টান্ত
একদিন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে মথুরকে বললেন, ‘মথুর, তুমি যতদিন (জীবিত) থাকবে, আমি ততদিন এখানে (দক্ষিণেশ্বরে) থাকব।’ মথুর শুনে আতঙ্কে শিউরে উঠলেন। কারণ তিনি জানতেন, সাক্ষাৎ জগদম্বাই ঠাকুরের শরীর অবলম্বন করে তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে সর্বদা রক্ষা করছেন—সুতরাং ঠাকুরের এমন কথা শুনে বুঝলেন, তাঁর অবর্তমানে ঠাকুর তাঁর পরিবারের সকলকে ত্যাগ করে যাবেন। তারপর তিনি দীনভাবে ঠাকুরকে বললেন, ‘সে কী বাবা, আমার পত্নী ও পুত্র দ্বারকানাথও যে তোমাকে বিশেষ ভক্তি করে।’ মথুরকে কাতর দেখে ঠাকুর বললেন, ‘আচ্ছা, তোমার পত্নী ও দোয়ারি যতদিন থাকবে, আমি ততদিন থাকব!’ ঘটনাও বাস্তবিক সেইরকমই হয়েছিল। শ্রীমতী জগদম্বা দাসী ও দ্বারকানাথের দেহাবসানের অল্পকাল পরে ঠাকুর চিরকালের জন্য দক্ষিণেশ্বর পরিত্যাগ করেছিলেন। শ্রীমতী জগদম্বা দাসী ১৮৮১ খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন।[5] এর পরে ঠাকুর মাত্র তিন বছরের কিছু বেশি দক্ষিণেশ্বরে ছিলেন।
এ বিষয়ে দ্বিতীয় দৃষ্টান্ত
অন্য এক দিন মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন, “কই বাবা, তুমি যে বলেছিলে তোমার ভক্তেরা আসবে, তারা কেউই তো এখনও এল না?” ঠাকুর তা শুনে বললেন, ‘কী জানি বাবু, মা তাদের কত দিনে আনবেন—তারা সব আসবে, এ কথা কিন্তু মা আমাকে স্বয়ং জানিয়েছেন। আর যা যা দেখিয়েছেন সে-সবই তো একে একে সত্য হয়েছে, এটা কেন সত্য হল না কে জানে!’ এই বলে ঠাকুর বিষণ্ণমনে ভাবতে লাগলেন, তাঁর সেই দর্শনটি কি তবে ভুল হল? মথুর তাঁকে বিষণ্ণ দেখে মনে বিশেষ ব্যথা পেলেন, ভাবলেন, ও কথা পেড়ে ভালো করেননি। পরে বালকভাবাপন্ন ঠাকুরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ‘তারা আসুক আর নাই আসুক, বাবা, আমি তো তোমার চিরানুগত ভক্ত রয়েছি—তবে আর তোমার দর্শন সত্য হল না কী করে? আমি একাই একশো ভক্তের তুল্য, তাই মা বলেছিলেন অনেক ভক্ত আসবে।’ ঠাকুর বললেন, ‘কে জানে বাবু, তুমি যা বলচ তাই বা হবে!’ মথুর সে প্রসঙ্গে আর বেশি দূর এগোলেন না, অন্য কথা পেড়ে ঠাকুরকে ভুলিয়ে দিলেন।
মথুরের এমন নিষ্কাম ভক্তি লাভ করা আশ্চর্য নয়—এ সম্বন্ধে শাস্ত্রীয় মত
ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে মথুরের মনে কতটা ভাবপরিবর্তন ঘটেছিল, তা আমরা ‘গুরুভাব’ গ্রন্থের অনেক জায়গায় পাঠককে বলেছি। শাস্ত্র বলেন, মুক্ত পুরুষের সেবকেরা তাঁর অনুষ্ঠিত শুভকর্মগুলির ফলের অধিকারী হন। অতএব অবতার-পুরুষের সেবকেরা যে বিবিধ দৈবী সম্পদের অধিকারী হবেন, এতে আর বিচিত্র কী?
মথুরের দেহত্যাগ
সম্পদ-বিপদ, সুখ-দুঃখ, মিলন-বিয়োগ, জীবন-মৃত্যুরূপ তরঙ্গসমাকুল কালের অনন্ত প্রবাহ ক্রমে সন ১২৭৮ সালকে ধরাধামে এনে উপস্থিত করল। সে বছর ঠাকুরের সঙ্গে মথুরের সম্বন্ধ ঘনিষ্ঠতর হয়ে পনেরো বছরে পা দিল। বৈশাখ গেল, জ্যৈষ্ঠ গেল, আষাঢ়েরও অর্ধেক দিন অতীতের গর্ভে লীন হল, এমন সময় শ্রীযুক্ত মথুর জ্বরে শয্যাগত হলেন। ক্রমশ জ্বর বেড়ে সাত-আট দিনেই বিকারে পরিণত হল এবং মথুরের বাক্-রোধ হল। ঠাকুর আগে থেকেই বুঝেছিলেন, মা তাঁর ভক্তকে নিজ স্নেহময় অঙ্কে গ্রহণ করছেন—মথুরের ভক্তিব্রতের উদ্-যাপন হয়েছে। সেজন্য হৃদয়কে প্রতিদিন দেখতে পাঠালেও নিজে মথুরকে দেখতে একদিনও গেলেন না। ক্রমে শেষদিন উপস্থিত হল—অন্তিমকাল এসেছে দেখে মথুরকে কালীঘাটে নিয়ে যাওয়া হল। সেদিন ঠাকুর হৃদয়কেও দেখতে পাঠালেন না, কিন্তু বিকেল হলে দুই-তিন ঘণ্টা গভীর ভাবে নিমগ্ন হলেন এবং জ্যোতির্ময় বর্ত্মে দিব্য শরীরে ভক্তের পাশে উপনীত হয়ে তাকে কৃতার্থ করলেন—বহুপুণ্যার্জিত লোকে তাকে স্বয়ং আরূঢ় করালেন।
ঠাকুরের ভাবাবেশে সেই ঘটনা দর্শন
ভাবভঙ্গে ঠাকুর হৃদয়কে কাছে ডাকলেন (তখন পাঁচটা বেজে গেছে) এবং বললেন, “শ্রীশ্রীজগদম্বার সখীরা মথুরকে সাদরে দিব্য রথে তুলে নিলেন—তার তেজ শ্রীশ্রীদেবীলোকে গমন করল।” পরে গভীর রাতে কালীবাড়ির কর্মচারীরা ফিরে এসে হৃদয়কে সংবাদ দিল, মথুরবাবু বিকেল পাঁচটার সময় দেহরক্ষা করেছেন।[6] এভাবে পুণ্যলোকে গমন করলেও ভোগ-বাসনার সম্পূর্ণ ক্ষয় না হওয়ায় পরম ভক্ত মথুরামোহনকে ধরাধামে পুনরায় ফিরতে হবে, ঠাকুরের মুখে এ কথা আমরা অন্য সময়ে শুনেছি এবং পাঠককে অন্যত্র বলেছি।[7]
[1] গুরুভাব – পূর্বার্ধ, ১ম অধ্যায়।
[2] হৃদয় বলত, যাওয়ার সময় পথ এবড়োখেবড়ো ছিল বলে ঠাকুরকে পালকিতে চড়িয়ে শ্রীযুক্ত মথুর নিজে হাতির পিঠে গিয়েছিলেন এবং গ্রামে পৌঁছনোর পরে ঠাকুরের কৌতূহল মেটানোর জন্য তাঁকে কখনও কখনও হাতির পিঠে চড়িয়েছিলেন।
[3] গুরুভাব – উত্তরার্ধ, ৩য় অধ্যায়।
[4] গুরুভাব – উত্তরার্ধ, ৩য় অধ্যায়।
[5] “Jagadamba died on or about 1st January, 1881, intestate, leaving defendant Trayluksha, then the only son of Mathura, her surviving.” Quoted from Plaintiff’s statement in High Court, Suit No. 203 of 1889”
[6] “Mathura Mohan Biswas died in July, 1871, intestate, leaving his surviving Jagadamba, sole widow, Bhupal since deceased, a son by his another wife who had predeceased him – and Dwarka Nath Biswas since deceased, defendant Trayluksha Nath and Thakurdas alias Dhurmadas, three sons by the said Jagadamba.”
Quoted from plaintiff’s statement in High Court Suit No. 230 of 1889 – Shyama Charan Biswas vs. Trayluksha Nath Biswas, Gurudas, Kalidas, Durgadas and Kumudini.
[7] গুরুভাব – পূর্বার্ধ, ৭ম অধ্যায়।
বিবাহের পরে ঠাকুরকে প্রথম দর্শনের সময় শ্রীশ্রীমা বালিকামাত্র ছিলেন
মথুর চলে গেলেন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে মানুষের জীবনপ্রবাহ কিন্তু একইভাবে বয়ে চলল। দিন, মাস পেরিয়ে ক্রমে ছয় মাস কেটে গেল এবং ১২৭৮ সালের ফাল্গুন মাস সমাগত হল। ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা এই সময়ে ঘটেছিল। তা জানতে হলে আমাদের জয়রামবাটী গ্রামে ঠাকুরের শ্বশুরবাড়িতে একবার যেতে হবে।
আমরা আগেই বলেছি, সন ১২৭৪ সালে ঠাকুর যখন ভৈরবী ব্রাহ্মণী ও হৃদয়কে সঙ্গে নিয়ে নিজের জন্মভূমি কামারপুকুর গ্রামে গিয়েছিলেন, তখন তাঁর আত্মীয় রমণীরা তাঁর পত্নীকে সেখানে এনেছিলেন। বলতে গেলে, বিবাহের পর সেই সময়েই শ্রীশ্রীমাতাঠাকুরানী প্রথমবার স্বামীর দর্শন লাভ করেছিলেন। কামারপুকুর অঞ্চলের বালিকাদের সঙ্গে কলিকাতার বালিকাদের তুলনা করার সুযোগ যিনি পেয়েছেন, তিনি দেখেছেন, কলিকাতা অঞ্চলের বালিকাদের দেহ ও মন অল্প বয়সেই পরিণত হয়ে ওঠে, কিন্তু কামারপুকুর প্রভৃতি গ্রামের বালিকাদের তা হয় না।
গ্রাম্য বালিকাদের শরীরমন বিলম্বে পরিণত হয়
চোদ্দো এবং কখনও কখনও পনেরো ও ষোলো বছরের মেয়েদেরও সেখানে যৌবনকালের অঙ্গলক্ষণগুলি পূর্ণভাবে ফুটে ওঠে না, এবং শরীরের মতো তাদের মনও তেমনই বিলম্বে পরিণত হয়। পিঞ্জরাবদ্ধ পক্ষিণীদের মতো অল্পপরিসর জায়গায় দিন কাটাতে বাধ্য না হয়ে পবিত্র নির্মল গ্রাম্য বায়ু সেবন করে এবং গ্রামের মধ্যে যেখানে-সেখানে স্বচ্ছন্দে ঘুরে বেড়িয়ে স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করে বলেই বোধ হয় এমন হয়।
ঠাকুরকে প্রথমবার দেখে শ্রীশ্রীমার মনের ভাব
চোদ্দো বছর বয়সে (বস্তুত) প্রথমবার স্বামীর দর্শনের সময় শ্রীমতী মাতাঠাকুরানী স্বভাবে নিতান্ত বালিকা ছিলেন। দাম্পত্য-জীবনের গভীর উদ্দেশ্য এবং দায়িত্ব বোঝার শক্তি তাঁর মধ্যে তখন সবেমাত্র বিকাশোন্মুখ হয়েছিল। পবিত্রা বালিকা দেহবুদ্ধিবিরহিত ঠাকুরের দিব্য সঙ্গ এবং নিঃস্বার্থ আদরযত্ন পেয়ে সেই সময়ে অনির্বচনীয় আনন্দে উল্লসিত হয়েছিলেন। ঠাকুরের স্ত্রীভক্তদের কাছে তিনি এই উল্লাসের কথা অনেক সময় এভাবে বলেছেন, “সেই সময় থেকে সর্বদা অনুভব করতাম, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণঘট যেন স্থাপিত রয়েছে—সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতখানি, কেমন পূর্ণ থাকত, তা বলে বোঝাবার নয়।”
সেই ভাব নিয়ে শ্রীশ্রীমার জয়রামবাটীতে বাসের কথা
কয়েক মাস পরে ঠাকুর যখন কামারপুকুর থেকে কলিকাতায় ফিরলেন, বালিকা তখন এই অনুভব নিয়ে পিত্রালয়ে ফিরে এলেন যে, তিনি অনন্ত আনন্দসম্পদের অধিকারিণী হয়েছেন। আমরা বেশ বুঝতে পারি, সেই উল্লাসের উপলব্ধিতে তাঁর চলন, বলন, আচরণ প্রভৃতি সব কাজকর্মের মধ্যে এই সময়ে একটি পরিবর্তন দেখা দিয়েছিল। কিন্তু সাধারণ মানুষ তা দেখতে পেয়েছিল কি না সন্দেহ। কারণ তা তাঁকে চপল না করে শান্তস্বভাব করেছিল, প্রগল্ভ না করে চিন্তাশীল করেছিল, স্বার্থদৃষ্টিনিবদ্ধ না করে নিঃস্বার্থ-প্রেমিকা করেছিল, এবং অন্তর থেকে সর্বপ্রকার অভাববোধ তিরোহিত করে মানবসাধারণের দুঃখকষ্টে অনন্ত সমবেদনায় ভরিয়ে তুলে ক্রমে তাঁকে করুণার সাক্ষাৎ প্রতিমায় পরিণত করেছিল। মানসিক উল্লাসের প্রভাবে তখন থেকে অশেষ শারীরিক কষ্ট তাঁর কাছে কষ্ট বলে মনে হত না, এবং আত্মীয়স্বজনের কাছ থেকে আদর-যত্নের প্রতিদান না পেলে মনে দুঃখ হত না। এভাবে সব বিষয়ে সামান্যেই সন্তুষ্ট থেকে বালিকা আপনাতে আপনি ডুবে তখন পিত্রালয়ে দিন কাটাতে লাগলেন। কিন্তু শরীর সেখানে থাকলেও তাঁর মন ঠাকুরের পদানুসরণ করে সেই থেকে দক্ষিণেশ্বরেই উপস্থিত ছিল। ঠাকুরকে দেখার এবং তাঁর কাছে যাওয়ার জন্য মধ্যে মধ্যে মনে প্রবল বাসনা জাগলেও তিনি তা যত্নে সংবরণ করে ধৈর্য ধরতেন; ভাবতেন, প্রথম দর্শনে যিনি তাঁকে কৃপা করে এত ভালোবেসেছেন, তিনি তাঁকে ভুলবেন না—সময় হলেই নিজের কাছে ডেকে নেবেন। এমনি করে দিনের পর দিন যেতে লাগল, এবং হৃদয়ে বিশ্বাস স্থির রেখে তিনি সেই শুভদিনের প্রতীক্ষা করতে লাগলেন।
সেই সময়ে শ্রীশ্রীমার মনোবেদনার কারণ ও দক্ষিণেশ্বরে আসার সংকল্প
চারটি দীর্ঘ বছর একে একে কেটে গেল। আশা-প্রতীক্ষার প্রবল প্রবাহ বালিকার মনে সমানভাবেই বইতে লাগল। তাঁর শরীর কিন্তু মনের মতো একভাবে রইল না, দিন দিন বদলে গিয়ে সন ১২৭৮ সালের পৌষে তা তাঁকে আঠারো বছরের যুবতীতে পরিণত করল। দেবতুল্য স্বামীর প্রথম দর্শনের আনন্দ তাঁকে জীবনের দৈনন্দিন সুখ-দুঃখ থেকে উঁচুতে তুলে রাখলেও সংসারে নিরাবিল আনন্দের অবকাশ কোথায়? —গ্রামের পুরুষেরা জল্পনা করতে বসে যখন তাঁর স্বামীকে ‘উন্মত্ত’ বলত, ‘পরনের কাপড় পর্যন্ত ছেড়ে হরি হরি করে বেড়ায়’ ইত্যাদি নানা কথা বলাবলি করত, অথবা সমবয়স্কা রমণীরা যখন তাঁকে ‘পাগলের স্ত্রী’ বলে করুণা বা উপেক্ষার পাত্রী মনে করত, তখন মুখে কিছু না বললেও তাঁর অন্তরে দারুণ ব্যথা বাজত। উন্মনা হয়ে তিনি তখন ভাবতেন—‘তবে কি আগে যেমন দেখেছিলাম, তিনি আর তেমন নেই? লোকে যেমন বলছে, তাঁর কি তেমনই অবস্থান্তর হয়েছে? বিধাতার নির্বন্ধে যদি তা-ই হয়ে থাকে, তাহলে আমার তো আর এখানে থাকা কর্তব্য নয়, পাশে থেকে তাঁর সেবায় নিযুক্ত থাকাই উচিত।’ অশেষ চিন্তার পর স্থির করলেন, তিনি নিজে দক্ষিণেশ্বরে গিয়ে চোখ-কানের বিবাদভঞ্জন করবেন, তারপর যা কর্তব্য বলে মনে হবে, সেইমতো কাজ করবেন।
সেই সংকল্প কাজে পরিণত করার বন্দোবস্ত
ফাল্গুনের দোলপূর্ণিমায়[1] শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। পুণ্যতোয়া জাহ্নবীতে স্নান করার জন্য বঙ্গের সুদূর প্রান্ত থেকে অনেকে সেদিন কলিকাতায় আসে। শ্রীমতী মাতাঠাকুরানীর দূরসম্পর্কের কয়েকজন আত্মীয় রমণী সে বছর সেজন্য আসবেন বলে আগেই স্থির করেছিলেন। তিনি এবার তাঁদের সঙ্গে গঙ্গাস্নানে যাওয়ার অভিপ্রায় প্রকাশ করলেন। তাঁর পিতার মত না থাকলে তাঁকে নিয়ে যাওয়া যুক্তিযুক্ত নয় ভেবে রমণীরা তাঁর পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। বুদ্ধিমান পিতা শুনেই বুঝলেন, কন্যা কেন এখন কলিকাতায় যেতে চাইছেন, এবং তাঁকে সঙ্গে নিয়ে নিজেই কলিকাতায় আসার জন্য সব বন্দোবস্ত করলেন।
নিজের পিতার সঙ্গে শ্রীশ্রীমার গঙ্গাস্নান করতে হেঁটে আগমন ও পথে জ্বর
রেল কোম্পানির প্রসাদে সুদূর কাশী, বৃন্দাবন কলিকাতার অতি কাছে এসে পড়েছে, কিন্তু ঠাকুরের জন্মস্থান কামারপুকুর ও জয়রামবাটী সেই প্রসাদ থেকে বঞ্চিত হয়ে যে দূরে সেই দূরেই পড়ে রয়েছে। এখনও এই অবস্থা, অতএব তখনকার তো কথাই নেই—তখন বিষ্ণুপুর বা তারকেশ্বর কোনো জায়গাতেই রেলপথ তৈরি হয়নি, এবং ঘাটালকেও বাষ্পীয় জলযান কলিকাতার সঙ্গে যুক্ত করেনি। সুতরাং পালকিতে অথবা হেঁটে যাতায়াত করা ছাড়া ওইসব গ্রামের লোকের অন্য উপায় ছিল না, এবং জমিদার প্রভৃতি ধনী লোক ছাড়া মধ্যবিত্ত গৃহস্থেরা সকলেই শেষের উপায়টি অবলম্বন করতেন। তাই কন্যা ও সঙ্গীদের সঙ্গে নিয়ে শ্রীরামচন্দ্র দূরপথ হেঁটে পাড়ি দিতে লাগলেন। ধানখেতের পর ধানখেত এবং মধ্যে মধ্যে পদ্মে ভরা দিঘি দেখতে দেখতে, অশ্বত্থ বট প্রভৃতি গাছের শীতল ছায়া অনুভব করতে করতে তাঁরা সকলে প্রথম দু-তিন দিন সানন্দে পথ চলতে লাগলেন। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত সে আনন্দ টিকল না। পথশ্রমে অনভ্যস্ত কন্যা পথে এক জায়গায় দারুণ জ্বরে আক্রান্ত হয়ে শ্রীরামচন্দ্রকে বিশেষ চিন্তায় ফেললেন। কন্যার এই অবস্থায় এগোনো অসম্ভব বুঝে তিনি চটিতে আশ্রয় নিয়ে রইলেন।
অসুস্থ অবস্থায় শ্রীশ্রীমার অদ্ভুত দর্শন–বিবরণ
পথের মধ্যে এভাবে অসুস্থ হয়ে পড়ায় শ্রীমতী মাতাঠাকুরানীর অন্তঃকরণে কতখানি বেদনা জেগেছিল, তা বলার নয়। কিন্তু সেই সময়ে তিনি এক অদ্ভুত দর্শন পেয়ে আশ্বস্ত হয়েছিলেন। সেই দর্শনের কথা তিনি পরে স্ত্রীভক্তদের কখনও কখনও এইভাবে বলেছেন –
“জ্বরে যখন একেবারে বেহুঁশ, লজ্জাসরমরহিত হয়ে পড়ে আছি, তখন দেখলাম পাশে একজন রমণী এসে বসল—মেয়েটির রঙ কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনও দেখিনি! —বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল—এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা জুড়িয়ে যেতে লাগল। জিজ্ঞাসা করলাম, ‘তুমি কোথা থেকে আসচ গা?’ রমণী বলল, ‘আমি দক্ষিণেশ্বর থেকে আসচি।’ শুনে অবাক হয়ে বললাম, ‘দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাঁকে (ঠাকুরকে) দেখব, তাঁর সেবা করব। কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ঐসব আর হলো না।’ রমণী বলল, ‘সে কী! তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভাল হয়ে সেখানে যাবে, তাঁকে দেখবে। তোমার জন্যই তো তাঁকে সেখানে আটকে রেখেছি।’ আমি বললাম, ‘বটে? তুমি আমাদের কে হও গা?’ মেয়েটি বললে, ‘আমি তোমার বোন হই।’ আমি বললাম, ‘বটে? তাই তুমি এসেছ!’ এইরকম কথাবার্তার পরেই ঘুমিয়ে পড়লাম!”
রাতে জ্বরগায়ে শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে পৌঁছানো ও ঠাকুরের আচরণ
সকালে উঠে শ্রীরামচন্দ্র দেখলেন, কন্যার জ্বর ছেড়ে গেছে। পথের মধ্যে নিরুপায় হয়ে বসে থাকার চেয়ে তিনি তাঁকে নিয়ে ধীরে ধীরে পথ চলাই শ্রেয় মনে করলেন। রাতের সেই দর্শনে উৎসাহিত হয়ে শ্রীমতী মাতাঠাকুরানী তাঁর এই পরামর্শ সাগ্রহে অনুমোদন করলেন। কিছুদূর যেতে না যেতে একখানা পালকিও পাওয়া গেল। তাঁর আবার জ্বর এল, কিন্তু আগের দিনের মতো প্রবলবেগে না আসায় তিনি জ্বরের প্রকোপে একেবারে অক্ষম হয়ে পড়লেন না। এ নিয়ে কাউকে কিছু বললেনও না। ক্রমে পথ শেষ হল, এবং রাত নয়টার সময় শ্রীশ্রীমা দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন।
ঠাকুর তাঁকে সহসা এভাবে রোগাক্রান্ত হয়ে আসতে দেখে বিশেষ উদ্বিগ্ন হলেন। ঠান্ডা লেগে জ্বর বাড়বে বলে নিজের ঘরে আলাদা বিছানায় তাঁর শোয়ার বন্দোবস্ত করে দিলেন, এবং দুঃখ করে বারবার বলতে লাগলেন, “তুমি এতদিনে এলে? আর কি আমার সেজবাবু (মথুরবাবু) আছে যে, তোমার যত্ন হবে?” ওষুধ-পথ্যের বিশেষ বন্দোবস্তে তিন-চার দিনেই শ্রীশ্রীমাতাঠাকুরানী আরোগ্যলাভ করলেন। সেই তিন-চার দিন ঠাকুর তাঁকে দিনরাত নিজের ঘরে রেখে ওষুধ-পথ্য প্রভৃতি সব বিষয়ের নিজেই তত্ত্বাবধান করলেন, তারপর নহবতঘরে নিজের জননীর কাছে তাঁর থাকার বন্দোবস্ত করে দিলেন।
ঠাকুরের এমন আচরণে শ্রীশ্রীমার সানন্দে সেখানে অবস্থিতি
চোখ-কানের বিবাদ মিটল, পরের কথায় উদিত হয়ে যে সন্দেহ মেঘের মতো বিশ্বাস-সূর্যকে আবৃত করার উপক্রম করেছিল, ঠাকুরের যত্ন-প্রবৃদ্ধ অনুরাগপবনে তা ছিন্নভিন্ন হয়ে এখন কোথায় বিলীন হয়ে গেল! শ্রীমতী মাতাঠাকুরানী প্রাণে প্রাণে বুঝলেন, ঠাকুর আগে যেমন ছিলেন এখনও তেমনই আছেন—সংসারী মানুষ না বুঝে তাঁর সম্বন্ধে নানা রটনা করেছে। দেবতা দেবতাই আছেন, এবং বিস্মৃত হওয়া তো দূরের কথা, তাঁর প্রতি আগের সমানই কৃপাপরবশ রয়েছেন। অতএব কর্তব্য স্থির হতে বিলম্ব হল না। প্রাণের উল্লাসে তিনি নহবতে থেকে দেবতার ও দেবজননীর সেবায় নিযুক্ত হলেন—এবং তাঁর পিতা কন্যার আনন্দে আনন্দিত হয়ে কয়েক দিন সেখানে কাটিয়ে খুশিমনে নিজের গ্রামে ফিরে গেলেন।
ঠাকুরের নিজের ব্রহ্মবিজ্ঞানের পরীক্ষা ও পত্নীকে শিক্ষাপ্রদান
সন ১২৭৪ সালে কামারপুকুরে থাকার সময় শ্রীমতী মাতাঠাকুরানীর আগমনে ঠাকুরের মনে যে চিন্তাপরম্পরার উদয় হয়েছিল, তা আমরা পাঠককে বলেছি। ব্রহ্মবিজ্ঞানে দৃঢ়প্রতিষ্ঠা লাভ সম্বন্ধে আচার্য শ্রীমৎ তোতাপুরীর কথা আলোচনা করে তিনি সেই সময়ে নিজের সাধনলব্ধ বিজ্ঞানের পরীক্ষা করতে এবং পত্নীর প্রতি কর্তব্য পালন করতে অগ্রসর হয়েছিলেন। কিন্তু তখন সেই দুটি কাজ সবে আরম্ভ করেই তাঁকে কলিকাতায় ফিরতে হয়েছিল। শ্রীমতী মাতাঠাকুরানীকে কাছে পেয়ে তিনি এখন আবার এই দুই বিষয়ে মনোনিবেশ করলেন।
এর আগে ঠাকুরের এমন অনুষ্ঠান না করার কারণ
প্রশ্ন উঠতে পারে—পত্নীকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এসে তিনি আগেই তো এমন করতে পারতেন, তা করেননি কেন? উত্তরে বলতে হয়—সাধারণ মানুষ এমনই করত, সন্দেহ নেই; ঠাকুর সেই শ্রেণির ছিলেন না বলে এমন আচরণ করেননি। ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করে যাঁরা জীবনে প্রতিক্ষণ প্রতিটি কাজ করতে অভ্যস্ত হয়েছেন, তাঁরা নিজে মতলব এঁটে কখনও কোনো কাজে অগ্রসর হন না। আত্মকল্যাণ বা অপরের কল্যাণসাধন করতে তাঁরা আমাদের মতো পরিচ্ছিন্ন, ক্ষুদ্র বুদ্ধির সাহায্য না নিয়ে শ্রীভগবানের বিরাট বুদ্ধির সাহায্য ও ইঙ্গিতের প্রতীক্ষা করেন। সেজন্য স্বেচ্ছায় পরীক্ষা দিতে তাঁরা সর্বথা পরাঙ্মুখ হন। কিন্তু বিরাটেচ্ছার অনুগামী হয়ে চলতে চলতে যদি কখনও পরীক্ষা দেওয়ার সময় আপনা থেকে এসে পড়ে, তবে তাঁরা সে পরীক্ষা দিতে সানন্দে অগ্রসর হন। ঠাকুর স্বেচ্ছায় নিজের ব্রহ্মবিজ্ঞানের গভীরতা পরীক্ষা করতে অগ্রসর হননি। কিন্তু যখন দেখলেন, পত্নী কামারপুকুরে তাঁর কাছে এসেছেন এবং পত্নীর প্রতি নিজের কর্তব্য পালন করতে গেলে তাঁকে সে বিষয়ে পরীক্ষা দিতে হবে, তখনই সেই কাজে প্রবৃত্ত হয়েছিলেন। আবার ঈশ্বরেচ্ছায় সেই সুযোগ যখন চলে গেল এবং তাঁকে কলিকাতায় এসে পত্নীর কাছ থেকে দূরে থাকতে হল, তখন তিনি তেমন সুযোগ ফিরিয়ে আনার জন্য স্বতঃপ্রবৃত্ত হলেন না। শ্রীমতী মাতাঠাকুরানী যতদিন না নিজে এসে উপস্থিত হলেন, ততদিন পর্যন্ত ঠাকুর তাঁকে দক্ষিণেশ্বরে আনার জন্য কিছুমাত্র চেষ্টা করলেন না। সাধারণ বুদ্ধি দিয়ে আমরা এভাবে ঠাকুরের আচরণের সামঞ্জস্য খুঁজে পেতে পারি; তা ছাড়া বলতে পারি যে, যোগদৃষ্টিতে তিনি জানতে পেরেছিলেন, এমন করাই ঈশ্বরের অভিপ্রেত।
ঠাকুরের শিক্ষাদানের প্রণালী ও শ্রীশ্রীমার সঙ্গে এই সময়ের আচরণ
সে যা হোক, পত্নীর প্রতি কর্তব্য পালন করে পরীক্ষা দেওয়ার সুযোগ এসেছে দেখে ঠাকুর এবার সানন্দে সে বিষয়ে অগ্রসর হলেন, এবং অবসর পেলেই মাতাঠাকুরানীকে মানবজীবনের উদ্দেশ্য এবং কর্তব্য সম্বন্ধে সর্বপ্রকার শিক্ষা দিতে লাগলেন। শোনা যায়, এই সময়েই তিনি মাতাঠাকুরানীকে বলেছিলেন, “চাঁদা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপন, তাঁকে ডাকার সকলেরই অধিকার আছে; যে ডাকবে তিনি তাকেই দর্শন দান করে কৃতার্থ করবেন, তুমি ডাকো তো তুমিও তাঁর দেখা পাবে।” কেবল উপদেশমাত্র দান করেই ঠাকুরের শিক্ষা শেষ হত না; বরং শিষ্যকে কাছে রেখে ভালোবাসায় সর্বতোভাবে আপন করে নিয়ে তিনি প্রথমে তাকে উপদেশ প্রদান করতেন, পরে শিষ্য তা কাজে কতটা পালন করছে, সর্বদা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন, এবং ভুল করে সে বিপরীত আচরণ করলে তাকে বুঝিয়ে সংশোধন করে দিতেন। শ্রীমতী মাতাঠাকুরানীর ক্ষেত্রে তিনি যে তখন সেই প্রণালী অবলম্বন করেছিলেন, তা বোঝা যায়। আসামাত্র তিনি তাঁকে নিজের ঘরে থাকতে দিয়েছিলেন, এবং সেরে ওঠার পরে প্রতিদিন রাতে নিজের বিছানায় শোয়ার অনুমতি দিয়েছিলেন—এতে বিশেষভাবে হৃদয়ঙ্গম হয়, প্রথম দিন থেকে ভালোবাসায় তিনি তাঁকে কতখানি আপন করে নিয়েছিলেন। মাতাঠাকুরানীর সঙ্গে ঠাকুরের এই সময়ের দিব্য আচরণের কথা আমরা পাঠককে অন্যত্র[2] বলেছি, সেজন্য এখানে তার আর পুনরুল্লেখ করব না। দু-একটি কথা, যা আগে বলা হয়নি, কেবল সেগুলিই বলব।
শ্রীশ্রীমাকে ঠাকুর কী ভাবে দেখতেন
শ্রীমতী মাতাঠাকুরানী একদিন এই সময়ে ঠাকুরের পদসংবাহন করতে করতে জিজ্ঞাসা করেছিলেন, “আমাকে তোমার কী বলে বোধ হয়?” ঠাকুর তার উত্তরে বলেছিলেন, “যে মা মন্দিরে আছেন, তিনিই এই শরীরের জন্ম দিয়েছেন ও সম্প্রতি নহবতে বাস করছেন, এবং তিনিই এখন আমার পদসেবা করছেন! সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমাকে সর্বদা সত্য সত্য দেখতে পাই!”
ঠাকুরের নিজমনের সংযম–পরীক্ষা
অন্য এক দিন শ্রীশ্রীমাকে নিজের পাশে ঘুমিয়ে থাকতে দেখে ঠাকুর নিজের মনকে সম্বোধন করে এভাবে বিচার করতে শুরু করেছিলেন—“মন, এরই নাম স্ত্রীশরীর, লোকে একে পরম উপাদেয় ভোগ্যবস্তু বলে জানে এবং ভোগ করার জন্য সর্বক্ষণ লালায়িত হয়; কিন্তু ওটা গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়, সচ্চিদানন্দঘন ঈশ্বরকে লাভ করা যায় না; ভাবের ঘরে চুরি কোরো না, পেটে একখানা মুখে একখানা রেখো না, সত্যি বলো তুমি ওটা গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি ওটা চাও তো এই তোমার সামনে রয়েছে, গ্রহণ করো।” এভাবে বিচার করে ঠাকুর শ্রীশ্রীমাতাঠাকুরানীর অঙ্গ স্পর্শ করতে উদ্যত হওয়ামাত্র মন কুণ্ঠিত হয়ে সহসা সমাধিপথে এমন বিলীন হয়ে গেল যে, সে রাতে আর সাধারণ ভাবভূমিতে অবরোহণ করল না। ঈশ্বরের নাম শুনিয়ে পরদিন বহু যত্নে তাঁর চৈতন্য ফিরিয়ে আনতে হয়েছিল।
পত্নীকে নিয়ে ঠাকুর যেমন আচরণ করেছিলেন, তেমন আচরণ কোনো অবতারপুরুষ করেননি—তার ফল
পূর্ণযৌবন ঠাকুর এবং নবযৌবনসম্পন্না শ্রীশ্রীমাতাঠাকুরানীর এই সময়ের এমন দিব্য লীলাবিলাস সম্বন্ধে যে সব কথা আমরা ঠাকুরের কাছে শুনেছি, তা জগতের আধ্যাত্মিক ইতিহাসে অপর কোনো মহাপুরুষের সম্বন্ধে শোনা যায় না। সে সব কথায় মুগ্ধ হয়ে মানব-হৃদয় স্বভাবতই এঁদের দেবত্বে বিশ্বাসবান হয়ে ওঠে, এবং অন্তরের ভক্তি-শ্রদ্ধা এঁদের শ্রীপাদপদ্মে অর্পণ করতে বাধ্য হয়। এই সময়ে দেহবোধবিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি সমাধিতে অতিবাহিত হত, এবং সমাধি থেকে ব্যুত্থিত হয়ে বাহ্যভূমিতে অবরোহণ করলেও তাঁর মন এত উঁচুতে অবস্থান করত যে, সাধারণ মানুষের মতো দেহবুদ্ধি তাতে একক্ষণের জন্যও উদিত হত না।
শ্রীশ্রীমার অলৌকিকত্ব সম্বন্ধে ঠাকুরের কথা
এভাবে দিনের পর দিন এবং মাসের পর মাস[3] কেটে ক্রমে এক বছরের বেশি সময় পেরিয়ে গেল—কিন্তু এই অদ্ভুত ঠাকুর ও ঠাকুরানীর সংযমের বাঁধ ভাঙল না। —একক্ষণের জন্য ভুলেও তাঁদের মন, প্রিয় বোধ করে দেহের রমণকামনা করল না। সেই সময়ের কথা স্মরণ করে ঠাকুর পরে আমাদের কখনও কখনও বলেছেন, “ও (শ্রীশ্রীমাতাঠাকুরানী) যদি এত ভালো না হত, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কি না, কে বলতে পারে? বিবাহের পরে মাকে (৺জগদম্বাকে) ব্যাকুল হয়ে ধরেছিলাম, ‘মা আমার পত্নীর ভিতর থেকে কামভাব একেবারে দূর করে দে’—ওর (শ্রীশ্রীমার) সঙ্গে একত্রে বাস করে এই সময়ে বুঝেছিলাম, মা সে-কথা সত্য সত্যই শুনেছিলেন।”
পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঠাকুরের সংকল্প
এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও যখন মনে একক্ষণের জন্য দেহবুদ্ধির উদয় হল না, এবং শ্রীমতী মাতাঠাকুরানীকে কখনও ৺জগদম্বার অংশভাবে এবং কখনও সচ্চিদানন্দস্বরূপ আত্মা বা ব্রহ্মভাবে ছাড়া অন্য কোনো ভাবে যখন দেখতে ও ভাবতে পারলেন না, তখন ঠাকুর বুঝলেন, শ্রীশ্রীজগন্মাতা কৃপা করে তাঁকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন এবং মার কৃপায় তাঁর মন এখন সহজ স্বাভাবিকভাবে দিব্যভাবভূমিতে আরূঢ় হয়ে সর্বদা অবস্থান করছে। শ্রীশ্রীজগন্মাতার প্রসাদে তিনি এখন প্রাণে প্রাণে অনুভব করলেন, তাঁর সাধনা সম্পূর্ণ হয়েছে, এবং শ্রীশ্রীজগন্মাতার শ্রীপাদপদ্মে মন এত তন্ময় হয়েছে যে, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মার ইচ্ছার বিরোধী কোনো ইচ্ছারই এখন আর তাতে উদয় হওয়ার সম্ভাবনা নেই। তারপর শ্রীশ্রীজগদম্বার বিধানে তাঁর প্রাণে এক অদ্ভুত বাসনার উদয় হল, এবং কিছুমাত্র দ্বিধা না করে তিনি এবার তা কাজে পরিণত করলেন। ঠাকুর ও শ্রীশ্রীমাতাঠাকুরানীর কাছে এ বিষয়ে সময়ে সময়ে যা জানতে পেরেছি, তা-ই এখন আমরা পাঠককে সম্বদ্ধভাবে বলব।
৺ষোড়শী–পূজার আয়োজন
সন ১২৮০ সালের জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর কেটে গেছে।[4] আজ অমাবস্যা, ফলহারিণী কালিকাপূজার পুণ্যদিন। সুতরাং দক্ষিণেশ্বর মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত। ঠাকুর শ্রীশ্রীজগদম্বাকে পূজা করার উদ্দেশ্যে আজ বিশেষ আয়োজন করেছেন। সে আয়োজন কিন্তু মন্দিরে না হয়ে তাঁর ইচ্ছানুসারে গুপ্তভাবে তাঁর ঘরেই হয়েছে। পূজাকালে দেবীকে বসতে দেওয়ার জন্য আলিম্পনভূষিত একখানি পীঠ পূজকের আসনের ডান পাশে স্থাপিত হয়েছে। সূর্য অস্ত গেল, ক্রমে গাঢ় তিমিরাবগুণ্ঠনে অমাবস্যার নিশি সমাগত হল। ঠাকুরের ভাগনে হৃদয়কে আজ রাতে মন্দিরে ৺দেবীর বিশেষ পূজা করতে হবে, তাই ঠাকুরের পূজার আয়োজনে যথাসাধ্য সাহায্য করে সে মন্দিরে চলে গেল, এবং রাতে ৺রাধাগোবিন্দের সেবা-পূজা শেষ করে দীনু পূজারী এসে ঠাকুরকে এ কাজে সাহায্য করতে লাগল। ৺দেবীর রহস্যপূজার সব আয়োজন সম্পূর্ণ হতে রাত নয়টা বেজে গেল। শ্রীমতী মাতাঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকতে ঠাকুর আগেই বলে পাঠিয়েছিলেন, তিনিও এখন সেই ঘরে এসে উপস্থিত হলেন। ঠাকুর পূজায় বসলেন।
ঠাকুরের শ্রীশ্রীমাকে অভিষেক করে পূজা
পূজাদ্রব্যগুলি শোধিত হল, পূর্বকৃত্য সম্পাদিত হল। ঠাকুর এইবার আলিম্পনভূষিত পীঠে শ্রীশ্রীমাকে বসার জন্য ইঙ্গিত করলেন। পূজা দর্শন করতে করতে শ্রীমতী মাতাঠাকুরানী আগেই অর্ধবাহ্যদশা প্রাপ্ত হয়েছিলেন। সুতরাং কী করছেন, তা সম্যক না বুঝে মন্ত্রমুগ্ধের মতো তিনি তখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের ডান দিকে উত্তরমুখী হয়ে বসলেন। সামনের কলসের মন্ত্রপূত বারি দিয়ে ঠাকুর বারংবার শ্রীশ্রীমাকে যথাবিধানে অভিষিক্ত করলেন। তারপর মন্ত্র শুনিয়ে তিনি এখন প্রার্থনামন্ত্র উচ্চারণ করলেন –
“হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতঃ ত্রিপুরাসুন্দরি, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, এর (শ্রীশ্রীমার) শরীরমনকে পবিত্র করে এতে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো!”
পূজাশেষে সমাধি ও ঠাকুরের জপপূজাদি ৺দেবীচরণে সমর্পণ
এরপর শ্রীশ্রীমার অঙ্গে যথাবিধানে মন্ত্রগুলির ন্যাস করে ঠাকুর সাক্ষাৎ ৺দেবীজ্ঞানে তাঁকে ষোড়শোপচারে পূজা করলেন, এবং ভোগ নিবেদন করে নিবেদিত বস্তুগুলির কিছু অংশ স্বহস্তে তাঁর মুখে দিলেন। বাহ্যজ্ঞানতিরোহিত হয়ে শ্রীশ্রীমা সমাধিস্থ হলেন! ঠাকুরও অর্ধবাহ্যদশায় মন্ত্রোচ্চারণ করতে করতে সম্পূর্ণ সমাধিমগ্ন হলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সঙ্গে আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হলেন।
কতক্ষণ কেটে গেল। নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ পেরিয়ে গেল। আত্মারাম ঠাকুরের এইবার বাহ্যসংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল। আগের মতো অর্ধবাহ্যদশা প্রাপ্ত হয়ে তিনি তখন ৺দেবীকে আত্মনিবেদন করলেন। তারপর নিজেকে, সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রীশ্রীদেবীপাদপদ্মে চিরকালের জন্য বিসর্জন দিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে তাঁকে প্রণাম করলেন –
“হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে, হে সর্বকর্মনিষ্পন্নকারিণি, হে শরণদায়িনি ত্রিনয়নি শিব-গেহিনি গৌরি, হে নারায়ণি, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম করি।”
পূজা শেষ হল—মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনায় ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হল—তাঁর দেব-মানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণতা লাভ করল।
ঠাকুরের নিরন্তর সমাধির জন্য শ্রীশ্রীমার ঘুমের ব্যাঘাত হওয়ায় অন্যত্র শয়ন এবং কামারপুকুরে প্রত্যাগমন
৺ষোড়শী-পূজার পরে শ্রীশ্রীমাতাঠাকুরানী প্রায় পাঁচ মাস ঠাকুরের কাছে ছিলেন। সেই সময়ে আগের মতোই তিনি ঠাকুর এবং ঠাকুরের জননীর সেবায় নিযুক্ত থেকে দিনের বেলাটা নহবতঘরে কাটিয়ে রাতে ঠাকুরের শয্যায় তাঁর পাশে শুতেন। দিনরাত ঠাকুরের ভাবসমাধির বিরাম ছিল না, এবং কখনও কখনও নির্বিকল্প সমাধিপথে তাঁর মন সহসা এমন বিলীন হত যে, মৃতের লক্ষণগুলি তাঁর দেহে প্রকাশ পেত। কখন ঠাকুরের সেইরকম সমাধি হবে, এই আশঙ্কায় শ্রীশ্রীমার রাতে ঘুম হত না। একরাতে সমাধিস্থ হওয়ার বহুক্ষণ পরেও ঠাকুরের সংজ্ঞা ফিরছে না দেখে ভয় পেয়ে ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে তিনি হৃদয় এবং অন্য সকলের ঘুম ভাঙিয়েছিলেন। পরে হৃদয় এসে বহুক্ষণ নাম শোনালে ঠাকুরের সমাধিভঙ্গ হল। সমাধিভঙ্গের পর ঠাকুর সব কথা জানতে পারলেন, এবং শ্রীশ্রীমার রোজ রাতে ঘুমের ব্যাঘাত হচ্ছে জেনে নহবতে নিজের জননীর কাছে মাতাঠাকুরানীর শোয়ার বন্দোবস্ত করে দিলেন। এভাবে প্রায় এক বছর চার মাস ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে কাটিয়ে ১২৮০ সালের আরম্ভে কোনো এক সময়ে শ্রীশ্রীমা কামারপুকুরে ফিরে গিয়েছিলেন।[5]
[1] ১২৭৮ সালের দোলপূর্ণিমা ১৩ চৈত্র পড়েছিল (ইং ২৫ মার্চ, ১৮৭২) । – প্রঃ
[2] গুরুভাব – পূর্বার্ধ, ৪র্থ অধ্যায়।
[3] ‘শ্রীশ্রীমায়ের কথা’-য় আছে, “দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শীপূজা করলেন।” শ্রীশশিভূষণ ঘোষ প্রণীত ‘শ্রীরামকৃষ্ণদেব’ গ্রন্থের ৩৩১ পৃষ্ঠায় শ্রীশ্রীসারদাদেবীর দক্ষিণেশ্বরে আসার ৩ মাসের মধ্যেই ষোড়শীপূজার উল্লেখ আছে। অধিকন্তু ‘শ্রীশ্রীমায়ের কথা’-য় এবং ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’-এ ৮ মাস একত্রে শয়নের উল্লেখ আছে। গুরুভাব – পূর্বার্ধেও ৮ মাস শয়নের কথাই সমর্থিত হয়। – প্রঃ
[4] ‘শ্রীশ্রীমায়ের কথা’, ২য় ভাগ, দ্রষ্টব্য। – প্রঃ
[5] ‘শ্রীশ্রীমায়ের কথা,’ ২য় খণ্ড।
৺ষোড়শীপূজার পরে ঠাকুরের সাধন–বাসনার নিবৃত্তি
৺ষোড়শী-পূজা সম্পন্ন করে ঠাকুরের সাধন-যজ্ঞ সম্পূর্ণ হল। ঈশ্বরানুরাগরূপ যে পুণ্য হুতবহ হৃদয়ে নিরন্তর প্রজ্বলিত থেকে তাঁকে দীর্ঘ বারো বছর অস্থির করে নানাভাবে সাধনায় প্রবৃত্ত করেছিল এবং সেই সময়ের পরেও সম্পূর্ণভাবে শান্ত হতে দেয়নি, পূর্ণাহুতি পেয়ে এতদিনে সে প্রশান্ত ভাব ধারণ করল। এমন না হয়েই বা সে এখন করবে কী—ঠাকুরের নিজের বলবার মতো এখন আর কী আছে, যা তিনি আগেই তাতে আহুতি দেননি? —ধন, মান, নাম, যশাদি পৃথিবীর সমস্ত ভোগাকাঙ্ক্ষা অনেক আগেই তিনি তাতে বিসর্জন দিয়েছেন। হৃদয়, প্রাণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারাদি সকলকেও তার করাল মুখে একে একে আহুতি দিয়েছেন! —ছিল কেবল বিবিধ সাধনপথে অগ্রসর হয়ে নানাভাবে শ্রীশ্রীজগন্মাতাকে দেখবার বাসনা—তাও এখন তিনি তাতে নিঃশেষে অর্পণ করলেন! অতএব প্রশান্ত না হয়ে সে এখন আর করবে কী?
কারণ, সর্বধর্মমতের সাধনা সম্পূর্ণ করে অন্য আর কী করবেন
ঠাকুর দেখলেন, শ্রীশ্রীজগদম্বা তাঁর প্রাণের ব্যাকুলতা দেখে তাঁকে সবার আগে দর্শন দান করে কৃতার্থ করেছেন—পরে, নানা অদ্ভুত গুণসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে তাঁকে পরিচিত করিয়ে বিবিধ শাস্ত্রীয় পথে অগ্রসর করে সেই দর্শন মিলিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন—অতএব তাঁর কাছে তিনি এখন আর কী চাইবেন! দেখলেন, চৌষট্টিখানা তন্ত্রের সব সাধন একে একে সম্পন্ন হয়েছে, বৈষ্ণবতন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত যত রকম সাধনপথ ভারতে প্রবর্তিত আছে সে সবই যথাবিধি অনুষ্ঠিত হয়েছে, সনাতন বৈদিক মার্গানুসারী হয়ে সন্ন্যাসগ্রহণ করে শ্রীশ্রীজগদম্বার নির্গুণ নিরাকার রূপের দর্শন হয়েছে, এবং শ্রীশ্রীজগন্মাতার অচিন্ত্যলীলায় ভারতের বাইরে উদ্ভূত ইসলাম মতের সাধনায় প্রবর্তিত হয়েও যথাযথ ফল হস্তগত হয়েছে—সুতরাং তাঁর কাছে তিনি এখন আর কী দেখতে বা শুনতে চাইবেন!
শ্রীশ্রীঈশা–প্রবর্তিত ধর্মে ঠাকুরের অদ্ভুত উপায়ে সিদ্ধিলাভ
এই সময়ের এক বছর পরে কিন্তু ঠাকুরের মন আবার অন্য এক সাধনপথে শ্রীশ্রীজগদম্বাকে দর্শন করার জন্য উন্মুখ হয়েছিল। তখন তিনি শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিকের সঙ্গে পরিচিত হয়েছেন এবং তাঁর কাছে বাইবেল শুনে শ্রীশ্রীঈশার পবিত্র জীবনের এবং সম্প্রদায়-প্রবর্তনের কথা জানতে পেরেছেন। সেই বাসনা মনে সামান্য জাগতে না জাগতেই শ্রীশ্রীজগদম্বা তা অদ্ভুত উপায়ে পূর্ণ করে তাঁকে কৃতার্থ করেছিলেন, তাই তার জন্য তাঁকে বিশেষ কোনো চেষ্টা করতে হয়নি। ঘটনা এরকম হয়েছিল—দক্ষিণেশ্বর কালীবাড়ির দক্ষিণ পাশে যদুলাল মল্লিকের বাগানবাড়ি; ঠাকুর সেখানে মধ্যে মধ্যে বেড়াতে যেতেন। যদুলাল ও তাঁর মা ঠাকুরকে দর্শন করার পর থেকে তাঁকে বিশেষ ভক্তিশ্রদ্ধা করতেন, সুতরাং বাগানে তাঁরা উপস্থিত না থাকলেও ঠাকুর সেখানে বেড়াতে গেলে কর্মচারীরা বাবুদের বৈঠকখানা খুলে দিয়ে তাঁকে কিছুক্ষণ বসতে ও বিশ্রাম করতে অনুরোধ করত। সেই ঘরের দেয়ালে অনেকগুলি উত্তম চিত্র টাঙানো ছিল। সেগুলির মধ্যে মাতৃক্রোড়ে অবস্থিত শ্রীশ্রীঈশার একখানি বালগোপালমূর্তিও ছিল। ঠাকুর বলতেন, একদিন সেই ঘরে বসে তিনি ওই ছবিখানি তন্ময় হয়ে দেখছিলেন এবং শ্রীশ্রীঈশার অদ্ভুত জীবনকথা ভাবছিলেন, এমন সময় দেখলেন, ছবিখানি যেন জীবন্ত জ্যোতির্ময় হয়ে উঠেছে, এবং সেই অদ্ভুত দেবজননী ও দেবশিশুর অঙ্গ থেকে জ্যোতিরশ্মিসমূহ তাঁর অন্তরে প্রবেশ করে তাঁর মানসিক ভাবগুলি আমূল পরিবর্তন করে দিচ্ছে! জন্মগত হিন্দুসংস্কারগুলি অন্তরের নিভৃত কোণে লীন হয়ে যাচ্ছে আর ভিন্ন সংস্কার অন্তরে জেগে উঠছে দেখে ঠাকুর তখন নানাভাবে নিজেকে সামলাতে চেষ্টা করতে লাগলেন, শ্রীশ্রীজগদম্বাকে কাতর হয়ে বলতে লাগলেন—“মা, আমাকে এ কী করছিস!” কিন্তু কিছুতেই কিছু হল না। সেই সংস্কারতরঙ্গ প্রবলবেগে উঠে তাঁর মনের হিন্দুসংস্কারগুলিকে একেবারে তলিয়ে দিল। তখন দেবদেবীদের প্রতি ঠাকুরের অনুরাগ, ভালোবাসা কোথায় বিলীন হল, এবং শ্রীশ্রীঈশার ও তাঁর প্রবর্তিত সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস এসে হৃদয় অধিকার করে ঠাকুরকে এই সব দেখাতে লাগল—খ্রীষ্টীয় পাদরিরা প্রার্থনামন্দিরে শ্রীশ্রীঈশার মূর্তির সামনে ধূপ-দীপ দান করছে, অন্তরের ব্যাকুলতা কাতর প্রার্থনায় নিবেদন করছে। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে নিরন্তর সেই সব বিষয়ের ধ্যানেই মগ্ন রইলেন এবং শ্রীশ্রীজগন্মাতার মন্দিরে গিয়ে তাঁকে দর্শন করার কথা একেবারে ভুলে গেলেন। তিন দিন ধরে সেই ভাবতরঙ্গ এভাবে তাঁর উপর প্রভুত্ব করে রইল। পরে তৃতীয় দিনের অবসানে ঠাকুর পঞ্চবটীতলে বেড়াতে বেড়াতে দেখলেন, এক অদৃষ্টপূর্ব দেবমানব, সুন্দর গৌরবর্ণ, স্থিরদৃষ্টিতে তাঁকে অবলোকন করতে করতে তাঁর দিকে এগিয়ে আসছেন। ঠাকুর দেখেই বুঝলেন, ইনি বিদেশি এবং বিজাতিসম্ভূত। দেখলেন, আয়ত নয়নযুগল এঁর মুখে অপূর্ব শোভা এনে দিয়েছে, এবং নাসিকা ‘একটু চাপা’ হলেও তাতে সেই সৌন্দর্যের কিছুমাত্র ব্যতিক্রম হয়নি। সেই সৌম্য মুখমণ্ডলের অপূর্ব দেবভাব দেখে ঠাকুর মুগ্ধ হলেন এবং বিস্মিত হৃদয়ে ভাবতে লাগলেন—কে ইনি? দেখতে দেখতে ওই মূর্তি কাছে এল, এবং ঠাকুরের পূত হৃদয়ের অন্তস্তল থেকে ধ্বনিত হতে লাগল, ‘ঈশামসি—দুঃখ-যাতনা থেকে জীবকুলকে উদ্ধারের জন্য যিনি হৃদয়ের শোণিত দান করেছিলেন এবং মানবহস্তে অশেষ নির্যাতন সহ্য করেছিলেন, সেই ঈশ্বরাভিন্ন পরম যোগী ও প্রেমিক খ্রীষ্ট ঈশামসি!’ তখন দেবমানব ঈশা ঠাকুরকে আলিঙ্গন করে তাঁর শরীরে লীন হলেন, এবং ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বাহ্যজ্ঞান হারালেন; তাঁর মন সগুণ বিরাটব্রহ্মের সঙ্গে কতক্ষণ ধরে একীভূত হয়ে রইল! এভাবে শ্রীশ্রীঈশার দর্শনলাভ করে ঠাকুর ঈশার অবতারত্ব সম্বন্ধে নিঃসন্দিগ্ধ হয়েছিলেন।
শ্রীশ্রীঈশা সম্বন্ধে ঠাকুরের দর্শন কীভাবে সত্য বলে প্রমাণিত হয়
এর বহুকাল পরে আমরা যখন ঠাকুরকে দর্শন করতে যেতাম, তখন তিনি একদিন শ্রীশ্রীঈশার প্রসঙ্গ উত্থাপন করে আমাদের বলেছিলেন, “হাঁ রে, তোরা তো বাইবেল পড়েছিস, বল দেখি তাতে ঈশার শারীরিক গঠন সম্বন্ধে কী লেখা আছে? তাঁকে দেখতে কেমন ছিল?” আমরা বললাম, “মহাশয়, সে কথার উল্লেখ বাইবেলের কোথাও দেখিনি; তবে ঈশা ইহুদি জাতিতে জন্মগ্রহণ করেছিলেন। অতএব সুন্দর গৌরবর্ণ ছিলেন, এবং তাঁর চোখ আয়ত আর নাক দীর্ঘ টিকালো ছিল নিশ্চয়!” ঠাকুর শুনে বললেন, “কিন্তু আমি দেখেছি তাঁর নাক একটু চাপা! কেন অমন দেখেছিলাম, কে জানে!” ঠাকুরের সে কথায় তখন কিছু না বললেও আমরা ভেবেছিলাম, ভাবাবেশে তিনি যে মূর্তি দেখেছিলেন, সেটি ঈশার বাস্তবিক মূর্তির সঙ্গে কেমন করে মিলবে? ইহুদিজাতীয় পুরুষদের মতো ঈশার নাক টিকালো ছিল নিশ্চয়। কিন্তু ঠাকুরের শরীররক্ষার কিছুকাল পরে জানতে পারলাম, ঈশার শারীরিক গঠন সম্বন্ধে তিন রকম বিবরণ লিপিবদ্ধ আছে, এবং সেগুলির একটিতে তাঁর নাক চাপা ছিল বলে উল্লিখিত আছে।
শ্রীশ্রীবুদ্ধের অবতারত্ব ও তাঁর ধর্মমত সম্বন্ধে ঠাকুরের কথা
ঠাকুরকে এভাবে পৃথিবীতে প্রচলিত প্রধান প্রধান যাবতীয় ধর্মমতে সিদ্ধ হতে দেখে পাঠকের মনে প্রশ্ন উঠতে পারে, শ্রীশ্রীবুদ্ধদেব সম্বন্ধে তাঁর কী ধারণা ছিল। সেজন্য এ বিষয়ে আমাদের যা জানা আছে, তা এখানে লিপিবদ্ধ করা ভালো। ভগবান শ্রীবুদ্ধদেব সম্বন্ধে সাধারণ হিন্দুরা যেমন বিশ্বাস করে, ঠাকুর সেরকমই বিশ্বাস করতেন; অর্থাৎ শ্রীবুদ্ধদেবকে তিনি ঈশ্বরাবতার বলে সব সময় শ্রদ্ধা ও পূজা অর্পণ করতেন, এবং পুরীধামের শ্রীশ্রীজগন্নাথ-সুভদ্রা-বলভদ্ররূপ ত্রিরত্নমূর্তিতে শ্রীভগবান বুদ্ধাবতারের প্রকাশ আজও বর্তমান বলে বিশ্বাস করতেন। শ্রীশ্রীজগন্নাথদেবের প্রসাদে ভেদবুদ্ধির লোপ হয়ে সাধারণ মানুষের জাতিবুদ্ধি দূর হয়ে যায়—সেই ধামের এই মাহাত্ম্যের কথা শুনে তিনি সেখানে যাওয়ার জন্য সমুৎসুক হয়েছিলেন। কিন্তু সেখানে গেলে নিজের শরীরনাশের সম্ভাবনার কথা জানতে পেরে এবং যোগদৃষ্টির সাহায্যে এ বিষয়ে শ্রীশ্রীজগদম্বার অন্যরকম অভিপ্রায় বুঝে সেই সংকল্প পরিত্যাগ করেছিলেন।[1] গাঙ্গবারি যে সাক্ষাৎ ব্রহ্মবারি, ঠাকুরের এই সতত বিশ্বাসের কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি; শ্রীশ্রীজগন্নাথদেবের প্রসাদী অন্ন গ্রহণ করলে মানুষের বিষয়াসক্ত মন তৎক্ষণাৎ পবিত্র হয় এবং আধ্যাত্মিক ভাবধারণের উপযোগী হয়, এ কথাতেও তিনি তেমনই দৃঢ় বিশ্বাস করতেন। বিষয়ী লোকের সঙ্গে কিছু সময় কাটাতে বাধ্য হলে তিনি তার পরেই একটু গাঙ্গবারি ও ‘আটকে’ মহাপ্রসাদ গ্রহণ করতেন, এবং তাঁর শিষ্যবর্গকেও সেরকম করতে বলতেন। শ্রীভগবান বুদ্ধাবতারে ঠাকুরের বিশ্বাস সম্বন্ধে উপরোক্ত কথাগুলি ছাড়া আরও একটি কথা আমরা জানতে পেরেছিলাম। ঠাকুরের পরম অনুগত ভক্ত মহাকবি শ্রীগিরিশচন্দ্র ঘোষ মহাশয় শ্রীশ্রীবুদ্ধাবতারের লীলাময় জীবন যখন নাটকাকারে প্রকাশ করেন, তখন ঠাকুর তা শুনে বলেছিলেন, “শ্রীশ্রীবুদ্ধদেব ঈশ্বরাবতার ছিলেন, এ নিশ্চয়; তাঁর প্রবর্তিত মতে ও বৈদিক জ্ঞানমার্গে কোনো প্রভেদ নেই।” আমাদের ধারণা, ঠাকুর যোগদৃষ্টির সাহায্যে সে কথা জেনেই এমন বলেছিলেন।
ঠাকুরের জৈন ও শিখ ধর্মমতে ভক্তিবিশ্বাস
জৈনধর্মপ্রবর্তক তীর্থঙ্করদের এবং শিখধর্মপ্রবর্তক গুরু নানক থেকে আরম্ভ করে গুরু গোবিন্দ পর্যন্ত দশ গুরুর অনেক কথা ঠাকুর পরবর্তী জীবনে জৈন এবং শিখ ধর্মাবলম্বীদের কাছে শুনতে পেয়েছিলেন। এতে সেই সব সম্প্রদায়-প্রবর্তকের উপর তাঁর বিশেষ ভক্তিশ্রদ্ধার উদয় হয়েছিল। অন্যান্য দেবদেবীর ছবির সঙ্গে তাঁর ঘরের এক পাশে মহাবীর তীর্থঙ্করের একটি পাথরের প্রতিমূর্তি এবং শ্রীশ্রীঈশার একখানি ছবি স্থাপিত ছিল। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সেই সব ছবির এবং এই দুটির সামনে ঠাকুর ধূপ-ধুনো দিতেন। এভাবে তিনি বিশেষ শ্রদ্ধাভক্তি প্রদর্শন করলেও আমরা কিন্তু তাঁকে তীর্থঙ্করদের অথবা দশ গুরুর মধ্যে কাউকে ঈশ্বরাবতার বলে অভিহিত করতে শুনিনি। শিখদের দশ গুরু সম্বন্ধে ঠাকুর বলতেন, “ওঁরা সকলে জনক ঋষির অবতার—শিখদের কাছে শুনেছি, রাজর্ষি জনকের মনে মুক্তিলাভ করার আগে লোককল্যাণ করার কামনা জেগেছিল, এবং সেজন্য তিনি নানক থেকে গোবিন্দ পর্যন্ত দশ গুরুরূপে দশবার জন্মগ্রহণ করে শিখজাতির মধ্যে ধর্মসংস্থাপন করার পর পরব্রহ্মের সঙ্গে চিরকালের জন্য মিলিত হয়েছিলেন; শিখদের ওই কথা মিথ্যা হওয়ার কোনো কারণ নেই।”
সর্বধর্মমতে সিদ্ধ হয়ে ঠাকুরের অসাধারণ উপলব্ধিগুলির পুনরুল্লেখ
সে যা-ই হোক, সর্বসাধনে সিদ্ধ হওয়ার পর ঠাকুরের কতকগুলি অসাধারণ উপলব্ধি হয়েছিল। সেই উপলব্ধির কতকগুলি ছিল ঠাকুরের নিজের সম্বন্ধে, আর কতকগুলি সাধারণ আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে। তার কিছু কিছু এই গ্রন্থে আমরা ইতিপূর্বে পাঠককে বললেও প্রধান প্রধানগুলি এখানে উল্লেখ করছি। আমাদের ধারণা, সাধনকালের অবসানে ঠাকুর শ্রীশ্রীজগন্মাতার সঙ্গে নিত্যযুক্ত হয়ে ভাবমুখে থাকার সময়ে ওই উপলব্ধিগুলির সম্যক অর্থ হৃদয়ঙ্গম করেছিলেন। তিনি যোগদৃষ্টির সাহায্যে ওই উপলব্ধিগুলি প্রত্যক্ষ করলেও সাধারণ মানববুদ্ধিতে সেগুলি সম্বন্ধে যতটা বোঝা যায়, তাও আমরা এখানে পাঠককে বলতে চেষ্টা করব।
(১) তিনি ঈশ্বরাবতার
প্রথম— ঠাকুরের ধারণা হয়েছিল, তিনি ঈশ্বরাবতার, আধিকারিক পুরুষ, তাঁর সাধন-ভজন হয়েছে অন্যের জন্য। নিজের সঙ্গে অপরের সাধকজীবনের তুলনা করে তিনি দুয়ের বিশেষ পার্থক্য সাধারণ দৃষ্টিতে বুঝতে পেরেছিলেন। দেখেছিলেন, সাধারণ সাধক একটিমাত্র ভাবের সাহায্যে আজীবন চেষ্টা করে ঈশ্বরের দর্শন লাভ করে শান্তির অধিকারী হয়; তাঁর বেলায় কিন্তু তা হয়নি—যতদিন না তিনি সব মতের সাধনা করেছেন, ততদিন কিছুতেই শান্ত হতে পারেননি, এবং প্রত্যেক মতের সাধনে সিদ্ধ হতে তাঁর অত্যল্প সময় লেগেছে। কারণ ছাড়া কার্যের উৎপত্তি অসম্ভব; এই বিষয়ের কারণানুসন্ধানই ঠাকুরকে তখন যোগারূঢ় করিয়ে তার কারণ দেখিয়ে দিয়েছিল, যেমন আগে বলা হয়েছে। দেখিয়েছিল, তিনি শুদ্ধ-বুদ্ধ-মুক্ত-স্বভাব সর্বশক্তিমান ঈশ্বরের বিশেষাবতার বলেই তাঁর এমন হয়েছে, এবং বুঝিয়েছিল যে, তাঁর অদৃষ্টপূর্ব সাধনাগুলি আধ্যাত্মিক রাজ্যে নতুন আলো এনে জীবের কল্যাণসাধনের জন্যই অনুষ্ঠিত হয়েছে, তাঁর ব্যক্তিগত অভাবমোচনের জন্য নয়।
(২) তাঁর মুক্তি নেই
দ্বিতীয়— তাঁর ধারণা হয়েছিল, অন্য জীবের মতো তাঁর মুক্তি হবে না। সাধারণ যুক্তির সাহায্যে এ কথা বুঝতে বিলম্ব হয় না। কারণ যিনি ঈশ্বর থেকে সর্বদা অভিন্ন—তাঁর অংশবিশেষ, তিনি তো সর্বদাই শুদ্ধ-বুদ্ধ-মুক্ত-স্বভাব, তাঁর অভাব বা পরিচ্ছিন্নতাই নেই; অতএব মুক্তি হবে কীভাবে? ঈশ্বরের জীবকল্যাণসাধন-রূপ কর্ম যতদিন থাকবে, ততদিন তাঁকেও যুগে যুগে অবতীর্ণ হয়ে তা করতে হবে—অতএব তাঁর মুক্তি কীভাবে হবে? ঠাকুর যেমন বলতেন, “সরকারি কর্মচারীকে জমিদারির যেখানে গোলমাল বাধবে, সেখানেই ছুটতে হবে।” যোগদৃষ্টির সাহায্যে তিনি নিজের সম্বন্ধে শুধু যে এই কথাই জেনেছিলেন তা নয়, উত্তর-পশ্চিম কোণ দেখিয়ে আমাদের অনেক সময় এ কথাও বলতেন যে, আগামী বারে তাঁকে ওই দিকে আসতে হবে। আমাদের কেউ কেউ[2] বলেন, তিনি সেই আগমনের সময় পর্যন্ত নিরূপণ করে তাঁদের বলেছিলেন, “দুশো বছর পরে ওই দিকে আসতে হবে, তখন অনেকে মুক্তিলাভ করবে; যারা তখন মুক্তিলাভ করবে না, তাদের তার জন্য অনেক কাল অপেক্ষা করতে হবে!”
(৩) নিজের দেহরক্ষার কাল জানতে পারা
তৃতীয়— যোগারূঢ় হয়ে ঠাকুর নিজের দেহরক্ষার কাল অনেক আগেই জানতে পেরেছিলেন। একদিন দক্ষিণেশ্বরে তিনি ভাবাবেশে শ্রীশ্রীমাতাঠাকুরানীকে এ বিষয়ে এই কথা বলেছিলেন –
“যখন দেখবে যার তার হাতে খাব, কলিকাতায় রাত কাটাব, এবং খাবারের অগ্রভাগ অন্যকে আগে খাইয়ে পরে নিজে বাকিটা খাব, তখন জানবে দেহরক্ষা করার কাল নিকটবর্তী হয়েছে।” —ঠাকুরের সেই কথাগুলি বর্ণে বর্ণে সত্য হয়েছিল।
আর একদিন ভাবাবিষ্ট হয়ে ঠাকুর শ্রীশ্রীমাকে দক্ষিণেশ্বরে বলেছিলেন, “শেষকালে আর কিছু খাব না, কেবল পায়সান্ন খাব”—সে কথা যে সত্য হয়েছিল, তা আমরা ইতিপূর্বে বলেছি।[3]
(৪) সর্ব ধর্ম সত্য—‘যত মত তত পথ’
আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে ঠাকুরের দ্বিতীয় প্রকারের উপলব্ধিগুলি এখন আমরা লিপিবদ্ধ করব –
প্রথম— সর্বমতের সাধনে সিদ্ধিলাভ করার পর ঠাকুরের দৃঢ় ধারণা হয়েছিল, ‘সর্ব ধর্ম সত্য—যত মত তত পথ মাত্র’। বলা যায়, যোগবুদ্ধি এবং সাধারণবুদ্ধি উভয়ের সাহায্যেই ঠাকুর এ কথা বুঝেছিলেন। কারণ সকল প্রকার ধর্মমতের সাধনায় অগ্রসর হয়ে তিনি সেগুলির প্রত্যেকটির যথার্থ ফল জীবনে প্রত্যক্ষ করেছিলেন। যুগাবতার ঠাকুর যে এ কথা প্রচার করে পৃথিবীর ধর্ম-বিরোধ ও ধর্মগ্লানি নিবারণের জন্যই বর্তমান কালে এসেছেন, তা বুঝতে বিলম্ব হয় না। কারণ, এর আগে কোনো ঈশ্বরাবতার সাধনার সাহায্যে এ কথা নিজের জীবনে পূর্ণ উপলব্ধি করে জগৎকে সে শিক্ষা দেননি। আধ্যাত্মিক মতের উদারতা ধরে অবতারদের স্থাননির্দেশ করতে হলে, এ বিষয় প্রচারের জন্য ঠাকুরকে নিঃসন্দেহে সর্বোচ্চ আসন দিতে হয়।
(৫) দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত মত মানবকে অবস্থাভেদে অবলম্বন করতে হবে
দ্বিতীয়— দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত মত প্রত্যেক মানুষের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে আপনা থেকেই এসে উপস্থিত হয়—অতএব ঠাকুর বলতেন, এই তিন মত পরস্পরবিরোধী নয়, বরং মানব-মনের আধ্যাত্মিক উন্নতিসাপেক্ষ ও অবস্থাসাপেক্ষ। ঠাকুরের এই প্রকার প্রত্যক্ষ অনন্ত শাস্ত্র বোঝার পক্ষে যে কতটা সাহায্য করবে, তা অল্প চিন্তা করলেই উপলব্ধি হবে। বেদোপনিষদাদি শাস্ত্রে ঋষিরা ওই তিন মতের কথা লিপিবদ্ধ করে গেছেন বলে কী অনন্ত গণ্ডগোল বেধে শাস্ত্রোক্ত ধর্মমার্গকে জটিল করে রেখেছে, তা বলার নয়। প্রত্যেক সম্প্রদায় ঋষিদের ওই তিন প্রকারের প্রত্যক্ষ এবং উক্তিগুলির সামঞ্জস্য করতে না পেরে ভাষা মুচড়ে সেগুলিকে একই ভাবাত্মক বলে প্রতিপন্ন করতে যথাসাধ্য চেষ্টা করেছেন। টীকাকারদের এইরকম চেষ্টার ফলে এই দাঁড়িয়েছে যে, শাস্ত্রবিচারের কথা উঠলেই লোকের মনে একটা দারুণ ভীতির সঞ্চার হয়। সেই ভীতি থেকেই শাস্ত্রে অবিশ্বাস এবং তার ফলে ভারতের আধ্যাত্মিক অবনতি দেখা দিয়েছে। সেইজন্য যুগাবতার ঠাকুরের প্রয়োজন হয়েছিল ওই তিন মতকে অবস্থাবিশেষে স্বয়ং উপলব্ধি করে সেগুলির এমন অদ্ভুত সামঞ্জস্যের কথা প্রচার করার। তাঁর এই মীমাংসা সর্বদা স্মরণে রাখাই শাস্ত্রে আমাদের প্রবেশাধিকার লাভের একমাত্র পথ। এ বিষয়ে তাঁর কয়েকটি উক্তি এখানে লিপিবদ্ধ করছি –
“অদ্বৈতভাব শেষ কথা জানবি, তা বাক্যমনাতীত উপলব্ধির বিষয়।
“মন-বুদ্ধি-সহায়ে বিশিষ্টাদ্বৈত পর্যন্ত বলা ও বুঝা যায়; তখন নিত্য যেমন নিত্য, লীলাও তেমনি নিত্য—চিন্ময় নাম, চিন্ময় ধাম, চিন্ময় শ্যাম!
“বিষয়বুদ্ধিপ্রবল সাধারণ মানবের পক্ষে দ্বৈতভাব, নারদপঞ্চরাত্রের উপদেশ মতো উচ্চ নাম-সংকীর্তনাদি প্রশস্ত।”
(৬) কর্মযোগ–অবলম্বনে সাধারণ মানবের উন্নতি হবে
কর্ম সম্বন্ধেও ঠাকুর এভাবে সীমানির্দেশ করে বলতেন—“সত্ত্বগুণী ব্যক্তির কর্ম স্বভাবত ত্যাগ হয়ে যায়—চেষ্টা করলেও সে আর কর্ম করতে পারে না, অথবা ঈশ্বর তাকে তা করতে দেন না। যেমন, গৃহস্থের বউয়ের গর্ভবৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মত্যাগ, আর ছেলে হলে সবরকম গৃহকর্ম ছেড়ে তাকে নিয়েই নাড়াচাড়া করে থাকা। অন্য সকল মানুষের পক্ষে কিন্তু ঈশ্বরে নির্ভর করে সংসারে যত কিছু কাজ বড়লোকের বাড়ির দাসদাসীর ভাবে করার চেষ্টা কর্তব্য। এইরকম করার নামই কর্মযোগ। যতটা সাধ্য ঈশ্বরের নাম, জপ ও ধ্যান করা এবং ওইভাবে সব কর্ম সম্পাদন করা—এই হল পথ।”
(৭) উদার মতে সম্প্রদায় প্রবর্তন করতে হবে
তৃতীয়— ঠাকুরের উপলব্ধি হয়েছিল, শ্রীশ্রীজগদম্বার হাতের যন্ত্র হয়ে তাঁকে এক নব সম্প্রদায় প্রবর্তন করতে হবে, যা তাঁর নিজের জীবনে প্রকাশিত উদার মতের বিশেষভাবে অধিকারী হবে। এ বিষয়ে ঠাকুর প্রথমে যা দেখেছিলেন, তা দেখেছিলেন মথুরবাবু জীবিত থাকার সময়ে। তিনি তখন মথুরবাবুকে বলেছিলেন, শ্রীশ্রীজগদম্বা তাঁকে দেখিয়েছেন যে, তাঁর কাছে ধর্মলাভ করতে অনেক ভক্ত আসবে। বলা বাহুল্য, পরে তা সত্য হয়েছিল। কাশীপুরের বাগানে থাকার সময় ঠাকুর নিজের ছায়ামূর্তি (photograph) দেখতে দেখতে আমাদের বলেছিলেন, “এ অতি উচ্চ যোগাবস্থার মূর্তি—কালে এই মূর্তির[4] ঘরে ঘরে পূজা হবে।”
(৮) যাদের শেষ জন্ম তারা তাঁর মত গ্রহণ করবে
চতুর্থ— যোগদৃষ্টির সাহায্যে জেনেছিলেন বলে ঠাকুরের দৃঢ় ধারণা হয়েছিল, ‘যাদের শেষ জন্ম, তারা তাঁর কাছে (ধর্মলাভ করতে) আসবে।’ এ বিষয়ে আমাদের মতামত আমরা পাঠককে অন্যত্র[5] বলেছি। সেজন্য তার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন।
তিনজন বিশিষ্ট শাস্ত্রজ্ঞ সাধক ঠাকুরকে ভিন্ন ভিন্ন সময়ে দেখে যে মত প্রকাশ করেছেন
ঠাকুরের সাধনকালে তিনটি বিশেষ সময়ে তিনজন বিশেষ শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিত তাঁর কাছে এসে তাঁর আধ্যাত্মিক অবস্থা স্বচক্ষে দেখে সে বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলেন। ঠাকুর তন্ত্রসাধনে সিদ্ধ হওয়ার পরে পণ্ডিত পদ্মলোচন তাঁকে দর্শন করেছিলেন—বৈষ্ণবতন্ত্রোক্ত সাধনকালে ঠাকুর সিদ্ধিলাভ করার পরে পণ্ডিত বৈষ্ণবচরণ তাঁর দর্শনলাভ করেছিলেন—এবং সাধনকালের অবসানে গৌরী পণ্ডিত দিব্যসাধনশ্রীসম্পন্ন ঠাকুরকে দেখে কৃতার্থ হয়েছিলেন। পদ্মলোচন ঠাকুরকে দেখে বলেছিলেন, “আপনার ভিতরে আমি ঈশ্বরীয় আবির্ভাব ও শক্তি দেখছি।” বৈষ্ণবচরণ সংস্কৃত ভাষায় স্তব রচনা করে ভাবাবিষ্ট ঠাকুরের সামনে তাঁর অবতারত্ব কীর্তন করেছিলেন। পণ্ডিত গৌরীকান্ত ঠাকুরকে দেখে বলেছিলেন, “শাস্ত্রে যে সব উচ্চ আধ্যাত্মিক অবস্থার কথা পড়েছি, সে সবই তোমাতে সাক্ষাৎ বর্তমান দেখছি। তা ছাড়া শাস্ত্রে যা লিপিবদ্ধ নেই, এমন উচ্চাবস্থাগুলির প্রকাশও তোমাতে বিদ্যমান দেখছি—তোমার অবস্থা বেদবেদান্তাদি সব শাস্ত্র অতিক্রম করে বহুদূর অগ্রসর হয়েছে, তুমি মানুষ নও, অবতারদের যাঁর থেকে উৎপত্তি হয়, সেই বস্তু তোমার ভিতরে রয়েছে!” ঠাকুরের অলৌকিক জীবন-কথা এবং এই অপূর্ব উপলব্ধিগুলি আলোচনা করলে বিশেষভাবে হৃদয়ঙ্গম হয় যে, ওই সাধক পণ্ডিতাগ্রণীরা তাঁকে বৃথা চাটুবাদ করে সেই কথাগুলি বলে যাননি। ওই পণ্ডিতদের দক্ষিণেশ্বরে আগমনকাল নিম্নলিখিতভাবে নিরূপিত হয় –
ওই পণ্ডিতদের আগমনকাল নিরূপণ
দক্ষিণেশ্বরে প্রথমবার থাকার সময়ে শ্রীশ্রীমাতাঠাকুরানী গৌরী পণ্ডিতকে সেখানে দেখেছিলেন। আবার, মথুরবাবু জীবিত থাকার সময়ে গৌরী পণ্ডিত যে দক্ষিণেশ্বরে এসেছিলেন, এ কথা আমরা ঠাকুরের কাছে শুনেছি। অতএব বোধ হয়, শ্রীযুক্ত গৌরী সন ১২৭৭ সালের কোনো এক সময়ে দক্ষিণেশ্বরে এসে সন ১২৭৯ সাল পর্যন্ত ঠাকুরের কাছে ছিলেন। শাস্ত্রজ্ঞান লাভ করে যাঁরা নিজেদের জীবনে সেই জ্ঞান পরিণত করতে চেষ্টা করতেন, এমন সাধক পণ্ডিতদের দেখার জন্য ঠাকুরের নিরন্তর আগ্রহ ছিল। ভট্টাচার্য শ্রীযুক্ত গৌরীকান্ত তর্কভূষণ এই শ্রেণির ছিলেন বলেই ঠাকুরের তাঁকে দেখার অভিলাষ হয়, এবং মথুরবাবুকে দিয়ে নিমন্ত্রণ করিয়ে তিনি তাঁকে দক্ষিণেশ্বরে আনেন। পণ্ডিতজীর বাস ছিল ঠাকুরের জন্মভূমির কাছে ইঁদেশ নামের গ্রামে। হৃদয়ের ভাই রামরতন মথুরবাবুর নিমন্ত্রণপত্র নিয়ে গিয়ে শ্রীযুক্ত গৌরীকান্তকে দক্ষিণেশ্বরের শ্রীমন্দিরে এনেছিলেন। গৌরী পণ্ডিতের সাধনপ্রসূত অদ্ভুত শক্তির কথা, এবং দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে দেখার পর তাঁর মনে ক্রমে প্রবল বৈরাগ্যের উদয় হলে তিনি যেভাবে সংসারত্যাগ করেন, সে সব কথা আমরা পাঠককে অন্যত্র[6] বলেছি।
‘রানী রাসমণির জীবনবৃত্তান্ত’-শীর্ষক গ্রন্থে শ্রীযুক্ত মথুরের অন্নমেরু-অনুষ্ঠানের কাল সন ১২৭০ সাল বলে নিরূপিত আছে। সেই সময়ে পণ্ডিত পদ্মলোচনকে দক্ষিণেশ্বরে নিমন্ত্রণ করে আনিয়ে দান গ্রহণ করাতে শ্রীযুক্ত মথুর আগ্রহী হয়েছিলেন, এ কথা আমরা ঠাকুরের কাছে শুনেছি। অতএব ঠাকুরের কাছে বেদান্তবিদ ভট্টাচার্য শ্রীযুক্ত পদ্মলোচন তর্কালঙ্কার মহাশয়ের আগমনকাল সন ১২৭০ সাল বলা যেতে পারে।
শ্রীযুক্ত উৎসবানন্দ গোস্বামীর পুত্র পণ্ডিত বৈষ্ণবচরণের দক্ষিণেশ্বরে আগমনকাল সহজেই নিরূপিত হয়। কারণ, ভৈরবী ব্রাহ্মণী শ্রীমতী যোগেশ্বরীর সঙ্গে এবং পরে ভট্টাচার্য শ্রীযুক্ত গৌরীকান্ত তর্কভূষণের সঙ্গে দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়িতে ঠাকুরের অলৌকিকত্ব সম্বন্ধে তাঁর আলোচনা হয়েছিল, এ কথা আমরা ঠাকুরের কাছে শুনেছি। ব্রাহ্মণীর মতো তিনিও ঠাকুরের শরীরমনে বৈষ্ণবশাস্ত্রোক্ত মহাভাবের সমস্ত লক্ষণ প্রকাশ পেতে দেখেছিলেন, এবং স্তম্ভিত হৃদয়ে শ্রীযুক্তা ব্রাহ্মণীর সঙ্গে একমত হয়ে ঠাকুরকে পুনরবতীর্ণ শ্রীগৌরাঙ্গদেব বলে নির্ণয় করেছিলেন। ঠাকুরের কাছে এই কথাগুলি শুনে মনে হয়, শ্রীযুক্ত বৈষ্ণবচরণ সন ১২৭১ সালে ঠাকুরের মধুরভাব-সাধনে সিদ্ধ হওয়ার পরে তাঁর কাছে এসে সন ১২৭৯ সাল পর্যন্ত দক্ষিণেশ্বরে মধ্যে মধ্যে যাতায়াত করেছিলেন।
ঠাকুরের নিজের সাঙ্গোপাঙ্গদের দেখার বাসনা ও আহ্বান
আগে যে উপলব্ধিগুলির কথা বলা হয়েছে, সেগুলি হওয়ার পরে ঈশ্বরের প্রেরণায় ঠাকুরের মনে এক অভিনব বাসনা প্রবলভাবে উদিত হয়েছিল। যোগারূঢ় হয়ে পূর্বপরিদৃষ্ট ভক্তদের দেখার জন্য এবং তাঁদের অন্তরে নিজের ধর্মশক্তি সঞ্চার করার জন্য তিনি বিশেষ ব্যাকুল হয়ে উঠেছিলেন। ঠাকুর বলতেন, “সেই ব্যাকুলতার সীমা ছিল না। দিনের বেলায় সারাক্ষণ সেই ব্যাকুলতা হৃদয়ে কোনোমতে ধরে রাখতাম। বিষয়ী লোকের মিথ্যা বিষয়প্রসঙ্গ শুনে যখন বিষের মতো বোধ হত, তখন ভাবতাম, তারা সকলে এলে ঈশ্বরীয় কথা বলে প্রাণ শীতল করব, কান জুড়োব, নিজের আধ্যাত্মিক উপলব্ধিগুলি তাদের বলে অন্তরের বোঝা হালকা করব। এভাবে প্রত্যেক বিষয়ে তাদের আসার কথার উদ্দীপনা হত, আর তাদের বিষয়েই নিরন্তর চিন্তা করতাম—কাকে কী বলব, কাকে কী দেব, সেই সব কথা ভেবে প্রস্তুত হয়ে থাকতাম। কিন্তু দিবাবসানে যখন সন্ধ্যার সমাগম হত, তখন ধৈর্যের বাঁধ দিয়ে সেই ব্যাকুলতাকে আর রাখতে পারতাম না, মনে হত আবার একটা দিন চলে গেল, তাদের কেউই এল না। যখন দেবালয় আরাত্রিকের শঙ্খ-ঘণ্টারোলে মুখরিত হয়ে উঠত, তখন বাবুদের কুঠির উপরের ছাদে গিয়ে হৃদয়ের যন্ত্রণায় অস্থির হয়ে কাঁদতে কাঁদতে উচ্চস্বরে ‘তোরা সব কে কোথায় আছিস, আয় রে—তোদের না দেখে আর থাকতে পারচি না’ বলে চিৎকারে গগন পূর্ণ করতাম! মা তার ছেলেকে দেখার জন্য এমন ব্যাকুলতা অনুভব করে কি না সন্দেহ; সখা সখার সঙ্গে এবং প্রণয়িযুগল পরস্পরের সঙ্গে মিলনের জন্য কখনও এমন করে, এ কথা শুনিনি—এত ব্যাকুলতায় প্রাণ চঞ্চল হয়েছিল। এরকম হওয়ার কয়েক দিন পরেই ভক্তেরা একে একে আসতে লাগল।”
ঠাকুরের ব্যাকুল আহ্বানে ভক্তেরা এভাবে দক্ষিণেশ্বরে আসার আগে কয়েকটি বিশেষ ঘটনা ঘটেছিল। এই গ্রন্থের সঙ্গে সেই ঘটনাগুলির মুখ্য সম্বন্ধ না থাকায় আমরা সেগুলি পরিশিষ্টে লিপিবদ্ধ করলাম।
[1] গুরুভাব – উত্তরার্ধ, ৩য় অধ্যায়।
[2] মহাকবি শ্রীগিরিশচন্দ্র ঘোষ প্রভৃতি।
[3] গুরুভাব – পূর্বার্ধ, ২য় অধ্যায়।
[4] ঠাকুরের বসে সমাধিস্থ থাকার মূর্তি।
[5] গুরুভাব – উত্তরার্ধ, ৪র্থ অধ্যায়।
[6] গুরুভাব – উত্তরার্ধ, ১ম অধ্যায়।
৺ষোড়শী-পূজার পর থেকে পূর্বপরিদৃষ্ট অন্তরঙ্গ ভক্তদের আগমনের আগে পর্যন্ত ঠাকুরের জীবনের প্রধান প্রধান ঘটনাবলি
রামেশ্বরের মৃত্যু
আমরা পাঠককে বলেছি, ৺ষোড়শী-পূজার পরে শ্রীশ্রীমাতাঠাকুরানী সন ১২৮০ সালের কার্তিক মাসে কামারপুকুরে ফিরে এসেছিলেন। শ্রীশ্রীমা সেখানে পৌঁছনোর অল্পদিন পরেই ঠাকুরের মেজ দাদা শ্রীযুক্ত রামেশ্বর ভট্টাচার্য জ্বরাতিসার রোগে মারা যান। ঠাকুরের পিতার বংশের প্রত্যেক স্ত্রী-পুরুষের মধ্যেই আধ্যাত্মিকতার বিশেষ প্রকাশ ছিল। শ্রীযুক্ত রামেশ্বরের সম্বন্ধে এ বিষয়ে যা শুনেছি, তা এখানে উল্লেখ করছি।
রামেশ্বরের উদার প্রকৃতি
রামেশ্বর বড় উদারপ্রকৃতির লোক ছিলেন। সন্ন্যাসী-ফকিরেরা দরজায় এসে যে যা চাইত, বাড়িতে থাকলে তিনি তাদের তা তৎক্ষণাৎ দিতেন। তাঁর আত্মীয়স্বজনের কাছে শুনেছি, এভাবে কোনো ফকির এসে বলত, রান্নার জন্য আমার একটি বোকনোর অভাব, কেউ বলত, আমার লোটা বা জলপাত্রের অভাব, কেউ বলত, আমার কম্বলের অভাব—রামেশ্বরও সেসব তৎক্ষণাৎ ঘর থেকে বের করে তাদের দিতেন। বাড়ির কেউ যদি তাতে আপত্তি করত, তাহলে রামেশ্বর তাকে শান্তভাবে বলতেন—নিয়ে যাক, কিছু বলো না, অমন জিনিস আবার কত আসবে, ভাবনা কী? জ্যোতিষশাস্ত্রে রামেশ্বরের সামান্য ব্যুৎপত্তি ছিল।
রামেশ্বরের মৃত্যুর সম্ভাবনা ঠাকুরের আগে থেকে জানতে পারা ও তাঁকে সতর্ক করা
দক্ষিণেশ্বর থেকে রামেশ্বর যখন শেষবার বাড়ি ফিরছিলেন, ঠাকুর তখন জানতে পেরেছিলেন যে, তাঁকে আর সেখান থেকে ফিরতে হবে না, এবং ভাবাবেশে বলেছিলেন—‘বাটী যাচ্ছ, যাও, কিন্তু স্ত্রীর কাছে শয়ন কোরো না; তা হলে তোমার প্রাণরক্ষা হওয়া সংশয়।’ এ কথা ঠাকুরের মুখে আমাদের কেউ কেউ[1] শুনেছেন।
রামেশ্বরের মৃত্যুসংবাদে জননীর শোকে প্রাণসংশয় হবে ভেবে ঠাকুরের প্রার্থনা ও তার ফল
রামেশ্বর বাড়িতে পৌঁছনোর কিছুদিন পরে খবর এল, তিনি অসুস্থ। ঠাকুর এ কথা শুনে হৃদয়কে বললেন—“সে নিষেধ মানেনি, তার প্রাণরক্ষা হওয়া সংশয়!” এর পাঁচ-সাত দিন পরেই খবর এল, শ্রীযুক্ত রামেশ্বর পরলোক গমন করেছেন। তাঁর মৃত্যুসংবাদে বৃদ্ধা জননীর প্রাণে বিষম আঘাত লাগবে ভেবে ঠাকুর বিশেষ চিন্তিত হয়ে পড়লেন এবং মন্দিরে গিয়ে জননীকে শোকের হাত থেকে রক্ষা করার জন্য শ্রীশ্রীজগদম্বার কাছে কাতর প্রার্থনা করলেন। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, এভাবে প্রার্থনা করার পরে তিনি জননীকে সান্ত্বনা দেওয়ার জন্য মন্দির থেকে নহবতে এলেন এবং সজলনয়নে তাঁকে সেই দুঃসংবাদ নিবেদন করলেন। ঠাকুর বলতেন, “ভেবেছিলাম, মা সে কথা শুনে একেবারে হতজ্ঞান হবেন এবং তাঁর প্রাণরক্ষা-সংশয় হবে, কিন্তু দেখলাম, ফল হল তার সম্পূর্ণ বিপরীত। মা সে কথা শুনে অল্প-স্বল্প দুঃখ প্রকাশ করে ‘সংসার অনিত্য, সকলেরই একদিন মৃত্যু নিশ্চিত, অতএব শোক করা বৃথা’—ইত্যাদি বলে আমাকেই শান্ত করতে লাগলেন। দেখলাম, তানপুরার কান টিপে সুর যেমন চড়িয়ে দেয়, শ্রীশ্রীজগদম্বা যেন তেমনই মার মনকে উচ্চ গ্রামে চড়িয়ে রেখেছেন, সেজন্যই পার্থিব শোকদুঃখ তাঁকে স্পর্শ করতে পারছে না। তা দেখে শ্রীশ্রীজগন্মাতাকে বার বার প্রণাম করলাম এবং নিশ্চিন্ত হলাম।”
মৃত্যু উপস্থিত জেনে রামেশ্বরের আচরণ
রামেশ্বর পাঁচ-সাত দিন আগে নিজের মৃত্যুকাল জানতে পেরেছিলেন এবং আত্মীয়দের সে কথা বলে নিজের সৎকার ও শ্রাদ্ধের জন্য সব আয়োজন করে রেখেছিলেন। বাড়ির সামনে একটি আমগাছ কোনো কারণে কাটা হচ্ছে দেখে বলেছিলেন—“ভালো হল, আমার কাজে লাগবে।” মৃত্যুর কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি শ্রীরামচন্দ্রের পূত নাম উচ্চারণ করছিলেন, তারপর সংজ্ঞা হারিয়েছিলেন, এবং অল্পক্ষণ পরে তাঁর প্রাণবায়ু দেহ থেকে বেরিয়ে গিয়েছিল। মৃত্যুর আগে রামেশ্বর আত্মীয়স্বজনকে অনুরোধ করেছিলেন, তাঁর দেহটাকে যেন শ্মশানের ভিতরে নয়, তার পাশের রাস্তার উপরে অগ্নিসাৎ করা হয়। কারণ জিজ্ঞাসা করলে বলেছিলেন—কত সাধুলোক সেই রাস্তার উপর দিয়ে চলবেন। তাঁদের পদরজে আমার সদ্গতি হবে। রামেশ্বরের মৃত্যু হয়েছিল গভীর রাতে।
মৃত্যুর পরে বন্ধু গোপালের সঙ্গে রামেশ্বরের কথোপকথন
পাড়ার গোপাল নামে এক ব্যক্তির সঙ্গে রামেশ্বরের বহুকাল ধরে বিশেষ সৌহৃদ্য ছিল। গোপাল বলতেন, রামেশ্বরের মৃত্যু যেদিন যে সময়ে হয়েছিল, সেদিন সেই সময়ে তিনি নিজের বাড়ির দরজায় কাউকে শব্দ করতে শুনে জিজ্ঞাসা করে উত্তর পেয়েছিলেন, ‘আমি রামেশ্বর, গঙ্গাস্নান করতে যাচ্ছি, বাড়িতে ৺রঘুবীর রইলেন, তাঁর সেবার বন্দোবস্ত সম্বন্ধে যাতে গোলমাল না হয়, সেদিকে তুমি নজর রেখো!’ গোপাল বন্ধুর ডাকে দরজা খুলতে গিয়ে আবার শুনলেন, ‘আমার শরীর নেই, অতএব দরজা খুললেও তুমি আমাকে দেখতে পাবে না।’ গোপাল তবু দরজা খুলে যখন কাউকে কোথাও দেখতে পেলেন না, তখন সংবাদ সত্য কি মিথ্যা, তা জানার জন্য রামেশ্বরের বাড়িতে গেলেন এবং দেখলেন, সত্যি সত্যিই রামেশ্বর দেহত্যাগ করেছেন।
ঠাকুরের ভাইপো রামলালের দক্ষিণেশ্বরে আগমন ও পূজকের পদগ্রহণ—চানকের অন্নপূর্ণার মন্দির
রামেশ্বরের জ্যেষ্ঠপুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় বলেন, তাঁর পিতার মৃত্যু হয়েছিল সন ১২৮০ সালের অগ্রহায়ণের ২৭ তারিখে, এবং তখন তাঁর বয়স ছিল আন্দাজ ৪৮ বছর। পিতার অস্থি সঞ্চয় করে কলিকাতার নিকটবর্তী বৈদ্যবাটী নামে এক জায়গায় এসে তিনি তা গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। পরে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসার জন্য সেখানেই নৌকায় করে গঙ্গা পার হয়েছিলেন। পার হওয়ার সময় ব্যারাকপুরের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিলেন, মথুরবাবুর পত্নী শ্রীমতী জগদম্বা দাসী সেখানে যে মন্দিরে অন্নপূর্ণা দেবীকে পরে প্রতিষ্ঠা করেন, তার অর্ধেক ভাগ মাত্র তখন গাঁথা হয়েছে। তারপর সন ১২৮১ সালের ৩০ চৈত্র, ইংরেজি ১৮৭৫ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল তারিখে সেই মন্দিরে ৺দেবীপ্রতিষ্ঠা নিষ্পন্ন হয়েছিল। রামেশ্বরের মৃত্যুর পরে তাঁর পুত্র রামলাল দক্ষিণেশ্বরে পূজকের পদ গ্রহণ করেছিলেন।
ঠাকুরের দ্বিতীয় রসদ্দার শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিকের কথা
মথুরবাবুর মৃত্যুর পরে কলিকাতার সিঁদুরিয়াপট্টি পাড়ার বাসিন্দা শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিক মহাশয় ঠাকুরের সঙ্গে পরিচিত হয়ে তাঁকে বিশেষভাবে ভক্তি-শ্রদ্ধা করতে আরম্ভ করেন।[2] শম্ভুবাবু এর আগে ব্রাহ্মসমাজ-প্রবর্তিত ধর্মমতে বিশেষ অনুরাগী ছিলেন এবং তাঁর অজস্র দানের জন্য কলিকাতাবাসী সকলের পরিচিত হয়ে উঠেছিলেন। ঠাকুরের প্রতি শম্ভুবাবুর ভক্তি ও ভালোবাসা দিন দিন অতি গভীর হয়ে উঠেছিল এবং কয়েক বছর ধরে তিনি তাঁর সেবা করে ধন্য হয়েছিলেন। ঠাকুরের এবং শ্রীমতী মাতাঠাকুরানীর যখন যা কিছুর অভাব হত, জানতে পারলে শম্ভুবাবু সে সমস্তই পরম আনন্দে পূরণ করতেন। শ্রীযুক্ত শম্ভু ঠাকুরকে ‘গুরুজী’ বলে সম্বোধন করতেন। ঠাকুর এতে মধ্যে মধ্যে বিরক্ত হয়ে বলতেন, “কে কার গুরু? তুমি আমার গুরু!” শম্ভু কিন্তু তাতে নিরস্ত না হয়ে চিরকাল তাঁকে সেভাবেই সম্বোধন করে গিয়েছিলেন। ঠাকুরের দিব্য সঙ্গগুণে শম্ভুবাবু যে আধ্যাত্মিক পথে বিশেষ আলো দেখতে পেয়েছিলেন এবং সেই সঙ্গের প্রভাবে তাঁর ধর্মবিশ্বাস যে পূর্ণতা ও সফলতা লাভ করেছিল, তা ঠাকুরের প্রতি তাঁর ওই সম্বোধন থেকেই হৃদয়ঙ্গম করা যায়। শম্ভুবাবুর পত্নীও ঠাকুরকে সাক্ষাৎ দেবতাজ্ঞানে ভক্তি করতেন এবং শ্রীশ্রীমাতাঠাকুরানী দক্ষিণেশ্বরে থাকলে তাঁকে প্রতি জয়মঙ্গলবারে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ষোড়শোপচারে তাঁর শ্রীচরণপূজা করতেন।
শ্রীশ্রীমার জন্য শম্ভুবাবুর ঘর করে দেওয়া, কাপ্তেনের এ বিষয়ে সাহায্য, সেই ঘরে ঠাকুরের একরাত্রি বাস
শ্রীশ্রীমাতাঠাকুরানী দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে এসেছিলেন বোধ হয় সন ১২৮১ সালের বৈশাখ মাসে। আগের মতো তখন তিনি নহবতের ঘরে ঠাকুরের জননীর সঙ্গে বাস করতে লাগলেন। শম্ভুবাবু সে কথা জানতে পেরে, সংকীর্ণ নহবতঘরে তাঁর থাকার কষ্ট হচ্ছে অনুমান করে দক্ষিণেশ্বর-মন্দিরের কাছেই কিছু জমি ২৫০ টাকা দিয়ে মৌরসী করে নিলেন এবং তার উপর একখানি সুপরিসর চালাঘর বেঁধে দেওয়ার সংকল্প করলেন। তখন কাপ্তেন-উপাধিপ্রাপ্ত নেপাল-রাজসরকারের কর্মচারী শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় মহাশয় ঠাকুরের কাছে যাতায়াত করছেন এবং তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধাশীল হয়ে উঠেছেন। কাপ্তেন বিশ্বনাথ সেই ঘর করার সংকল্প শুনে, তার জন্য যত কাঠ লাগবে, সব দিতে প্রতিশ্রুত হলেন। নেপাল-রাজসরকারের শালকাঠের কারবারের ভার তখন তাঁর হাতে ন্যস্ত থাকায়, কাঠ দেওয়া তাঁর পক্ষে বিশেষ ব্যয়সাধ্য ছিল না। গৃহনির্মাণ আরম্ভ হলে শ্রীযুক্ত বিশ্বনাথ গঙ্গার ওপারে বেলুড় গ্রামে তাঁর কাঠের গদি থেকে তিনখানি শালের চকোর পাঠিয়ে দিলেন। কিন্তু রাতে গঙ্গায় বিশেষ প্রবল জোয়ার আসায় সেগুলির একখানি ভেসে গেল। হৃদয় এতে অসন্তুষ্ট হয়ে শ্রীশ্রীমাকে ‘ভাগ্যহীনা’ বলেছিল। সে যা হোক, কাঠ ভেসে যাওয়ার কথা শুনে কাপ্তেন আর একখানি কাঠ পাঠিয়ে দিলেন এবং গৃহনির্মাণ সম্পূর্ণ হল। তারপর শ্রীশ্রীমাতাঠাকুরানী সেই ঘরে প্রায় এক বছর বাস করেছিলেন। ঘরের কাজে সাহায্য করবে এবং সর্বদা শ্রীশ্রীমার সঙ্গে থাকবে বলে একজন রমণীকে তখন নিযুক্ত করা হয়েছিল। শ্রীশ্রীমা এই ঘরে রান্না করে ঠাকুরের জন্য নানারকম খাবার রোজ দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে যেতেন এবং তাঁর খাওয়ার পর আবার এখানে ফিরে আসতেন। তাঁকে সন্তুষ্ট রাখতে ও তাঁর তত্ত্বাবধান করতে ঠাকুরও দিনের বেলায় কখনও কখনও সেই ঘরে আসতেন এবং কিছুক্ষণ তাঁর কাছে কাটিয়ে আবার মন্দিরে ফিরে যেতেন। কেবল একদিন এই নিয়মের ব্যতিক্রম হয়েছিল। সেদিন বিকেলে ঠাকুর শ্রীশ্রীমার কাছে আসামাত্র মুষলধারে বৃষ্টি আরম্ভ হল, এবং গভীর রাত পর্যন্ত এমনভাবে চলল যে, মন্দিরে ফিরে আসা একেবারে অসম্ভব হয়ে পড়ল। এভাবেই সে রাত তিনি সেখানে থাকতে বাধ্য হলেন এবং শ্রীশ্রীমা তাঁকে ঝোল-ভাত রেঁধে খাওয়ালেন।
সেই ঘরে থাকার সময় শ্রীশ্রীমার কঠিন অসুখ ও জয়রামবাটীতে গমন
এক বছর সেই ঘরে থাকার পরে শ্রীশ্রীমাতাঠাকুরানী আমাশয় রোগে কঠিনভাবে আক্রান্ত হলেন। শম্ভুবাবু তাঁর আরোগ্যের জন্য বিশেষ যত্ন করতে লাগলেন। তাঁর নিযুক্ত প্রসাদ ডাক্তার এই সময়ে শ্রীশ্রীমার চিকিৎসা করেছিলেন। একটু সেরে উঠলে শ্রীশ্রীমা পিত্রালয় জয়রামবাটী গ্রামে গেলেন। সম্ভবত সন ১২৮২ সালের আশ্বিন মাসে এই ঘটনা ঘটেছিল। কিন্তু সেখানে যাওয়ার অল্পদিন পরে আবার তিনি সেই রোগে শয্যাশায়ী হলেন। ক্রমে রোগ এত বেড়ে গেল যে, তাঁর শরীর রক্ষা পাওয়াই সংশয়ের বিষয় হয়ে উঠল। শ্রীশ্রীমাতাঠাকুরানীর পূজ্যপাদ পিতা শ্রীরামচন্দ্র তখন মানবলীলা সংবরণ করেছেন; সুতরাং তাঁর জননী এবং ভাইয়েরাই তাঁর যথাসাধ্য সেবা করতে লাগলেন। শুনেছি, ঠাকুর সেই সময়ে তাঁর নিদারুণ অসুখের কথা শুনে হৃদয়কে বলেছিলেন, “তাই তো রে হৃদে, ও (শ্রীশ্রীমা) কেবল আসবে আর যাবে, মনুষ্যজন্মের কিছুই করা হবে না!”
৺সিংহবাহিনীর কাছে হত্যাদান ও ওষুধ লাভ
রোগের যখন কিছুতেই উপশম হল না, তখন শ্রীশ্রীমার প্রাণে ৺দেবীর কাছে হত্যা দেওয়ার কথা জাগল, এবং জননী ও ভাইয়েরা জানতে পারলে এতে বাধা দিতে পারেন ভেবে তিনি কাউকে কিছু না বলে গ্রাম্যদেবী ৺সিংহবাহিনীর মাড়ে (মন্দিরে) গিয়ে সেই উদ্দেশ্যে প্রায়োপবেশন করে পড়ে রইলেন। কয়েক ঘণ্টা এভাবে থাকার পরেই ৺দেবী প্রসন্ন হয়ে তাঁকে আরোগ্যের জন্য ওষুধ বলে দিলেন।
৺দেবীর আদেশে সেই ওষুধ সেবন করামাত্রই তাঁর রোগের শান্তি হল এবং ক্রমে তাঁর শরীর আগের মতো সবল হয়ে উঠল। শ্রীশ্রীমা হত্যা দিয়ে ওষুধ পাওয়ার পর থেকে সেই দেবী বিশেষ জাগ্রত বলে চারপাশের গ্রামগুলিতে প্রতিপত্তি লাভ করেছিলেন।
মৃত্যুকালে শম্ভুবাবুর নির্ভীক আচরণ
প্রায় চার বছর এভাবে ঠাকুর ও শ্রীশ্রীমার সেবা করার পরে শম্ভুবাবু রোগে শয্যাশায়ী হলেন। তাঁর অসুস্থ অবস্থায় ঠাকুর একদিন তাঁকে দেখতে গেলেন এবং ফিরে এসে বললেন, “শম্ভুর প্রদীপে তেল নেই!” ঠাকুরের কথাই সত্য হল—বহুমূত্ররোগে বিকার দেখা দিল এবং শ্রীযুক্ত শম্ভু শরীররক্ষা করলেন। শম্ভুবাবু পরম উদার, তেজস্বী ও ঈশ্বরভক্ত ছিলেন। অসুস্থ অবস্থায় তাঁর মনের প্রসন্নতা একদিনের জন্যও নষ্ট হয়নি। মৃত্যুর কয়েক দিন আগে তিনি হৃদয়কে হৃষ্টচিত্তে বলেছিলেন, “মরণের নিমিত্ত আমার কিছুমাত্র চিন্তা নাই, আমি পুঁটলি-পাঁটলা বেঁধে প্রস্তুত হয়ে বসে আছি!” শম্ভুবাবুর সঙ্গে পরিচয় হওয়ার বহু আগে ঠাকুর যোগারূঢ় অবস্থায় দেখেছিলেন, শ্রীশ্রীজগদম্বা শম্ভুকেই তাঁর দ্বিতীয় রসদদাররূপে মনোনীত করেছেন, এবং দেখামাত্র তাঁকে সেই ব্যক্তি বলে চিনে নিয়েছিলেন।
ঠাকুরের জননী চন্দ্রমণি দেবীর শেষাবস্থা ও মৃত্যু
অসুস্থ হয়ে শ্রীশ্রীমাতাঠাকুরানী পিত্রালয়ে যাওয়ার কয়েক মাস পরে ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা ঘটেছিল। সন ১২৮২ সালে ৮৫ বছর বয়সে চন্দ্রাদেবী প্রাণত্যাগ করেছিলেন। শোনা যায়, শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির দিনে এই ঘটনা ঘটেছিল। এর কিছুকাল আগে থেকে জরার আক্রমণে তাঁর ইন্দ্রিয় ও মনের শক্তি অনেকাংশে লুপ্ত হয়েছিল। তাঁর মৃত্যুর কথা আমরা হৃদয়ের কাছে যেমন শুনেছি, তেমনই লিপিবদ্ধ করছি –
এই ঘটনার চার দিন আগে হৃদয় কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিল। রওনা হওয়ার আগে একটা অনির্দেশ্য আশঙ্কায় তার প্রাণ চঞ্চল হয়ে উঠল এবং ঠাকুরকে ছেড়ে তার কিছুতেই যেতে ইচ্ছা হল না। ঠাকুরকে সে কথা নিবেদন করলে তিনি বললেন, তবে গিয়ে কাজ নেই। তারপর তিন দিন নির্বিঘ্নে কেটে গেল।
ঠাকুর প্রতিদিন কিছুক্ষণের জন্য তাঁর জননীর কাছে গিয়ে স্বহস্তে যথাসাধ্য তাঁর সেবা করতেন। হৃদয়ও তেমনই করত এবং ‘কালীর মা’ নামে একজন চাকরানী দিনের বেলায় প্রায় সর্বদা বৃদ্ধার কাছে থাকত। হৃদয়কে বৃদ্ধা এই সময়ে দেখতে পারতেন না। অক্ষয়ের মৃত্যুর সময় থেকেই বৃদ্ধার মনে কেমন একটা ধারণা হয়েছিল যে, হৃদয়ই অক্ষয়কে মেরে ফেলেছে এবং ঠাকুরকে ও তাঁর পত্নীকে মেরে ফেলার চেষ্টা করছে। সেজন্য বৃদ্ধা ঠাকুরকে কখনও কখনও সতর্ক করে দিতেন, বলতেন—“হৃদুর কথা কখনো শুনবি না!” জরাজীর্ণ হয়ে তাঁর যে বুদ্ধিভ্রংশ হয়েছিল, তার পরিচয় অন্য নানা বিষয়েও পাওয়া যেত। যেমন—দক্ষিণেশ্বর বাগানের কাছেই আলমবাজারের পাটের কল। দুপুরে সেই কলের কর্মচারীদের কিছুক্ষণের জন্য ছুটি দেওয়া হয় এবং আধঘণ্টা বাদে বাঁশি বাজিয়ে আবার কাজে লাগিয়ে দেওয়া হয়। কলের বাঁশির আওয়াজকে বৃদ্ধা ৺বৈকুণ্ঠের শঙ্খধ্বনি বলে স্থির করেছিলেন এবং যতক্ষণ না সেই ধ্বনি শুনতে পেতেন, ততক্ষণ খেতে বসতেন না। খেতে অনুরোধ করলে বলতেন—“এখন কি খাব গো, এখনও শ্রীশ্রীলক্ষ্মীনারায়ণের ভোগ হয়নি, বৈকুণ্ঠে শঙ্খ বাজেনি, এখন কি খেতে আছে?” কলের যেদিন ছুটি থাকত, সেদিন বাঁশি বাজত না, বৃদ্ধাকে খেতে বসানো তখন বিষম মুশকিল হত; হৃদয় এবং ঠাকুরকে সেদিন নানা উপায় বের করে বৃদ্ধাকে খাওয়াতে হত।
সে যা হোক, চতুর্থ দিন এল, বৃদ্ধার অসুস্থতার কোনো চিহ্ন দেখা গেল না। সন্ধ্যার পর ঠাকুর তাঁর কাছে গেলেন এবং তাঁর পূর্বজীবনের নানা কথা তুলে গল্প করে বৃদ্ধার মন আনন্দে ভরিয়ে দিলেন। রাত দুই প্রহরের সময় ঠাকুর তাঁকে শুইয়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলেন।
পরদিন প্রভাত হল, ক্রমে আটটা বেজে গেল। বৃদ্ধা তবু ঘরের দরজা খুলে বাইরে এলেন না। ‘কালীর মা’ নহবতের উপরের ঘরের দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করল, কিন্তু বৃদ্ধার সাড়া পেল না। দরজায় কান পেতে শুনতে পেল, তাঁর গলা থেকে কেমন একটা বিকৃত শব্দ উঠছে! তখন ভয় পেয়ে সে ঠাকুর ও হৃদয়কে ব্যাপারটা জানাল। হৃদয় গিয়ে কৌশলে বাইরে থেকে দরজার অর্গল খুলে দেখল, বৃদ্ধা সংজ্ঞারহিত হয়ে পড়ে আছেন। তখন কবিরাজি ওষুধ এনে হৃদয় তাঁর জিভে লাগিয়ে দিতে থাকল এবং মধ্যে মধ্যে বিন্দু বিন্দু করে দুধ ও গঙ্গাজল তাঁকে পান করাতে লাগল। তিন দিন এভাবে থাকার পর বৃদ্ধার অন্তিমকাল উপস্থিত দেখে তাঁকে অন্তর্জলি করা হল এবং ঠাকুর ফুল, চন্দন ও তুলসী নিয়ে তাঁর পাদপদ্মে অঞ্জলি দিলেন। পরে, সন্ন্যাসী ঠাকুরকে করতে নেই বলে, ঠাকুরের ভাইপো রামলাল তাঁর নিয়োগে বৃদ্ধার দেহের সৎকার করলেন। তারপর অশৌচ কেটে গেলে, ঠাকুরের নির্দেশে রামলালই বৃষোৎসর্গ করে ঠাকুরের জননীর শ্রাদ্ধক্রিয়া যথারীতি সম্পন্ন করেছিলেন।
মাতৃবিয়োগের পর তর্পণ করতে গিয়ে ঠাকুরের তা করতে অপারগ হওয়া—তাঁর গলিত-কর্ম অবস্থা
মাতৃবিয়োগ হলে ঠাকুর শাস্ত্রীয় বিধান অনুসারে সন্ন্যাসগ্রহণের মর্যাদা রক্ষা করে অশৌচগ্রহণাদি কোনো কাজ করেননি। জননীর পুত্রোচিত কোনো কাজ করলাম না ভেবে একদিন তিনি তর্পণ করতে গেলেন। কিন্তু অঞ্জলি ভরে জল তোলামাত্র ভাবাবেশ হল, তাঁর আঙুলগুলি অসাড় অসংলগ্ন হয়ে সমস্ত জল হাত থেকে পড়ে গেল। বারবার চেষ্টা করেও তখন তিনি তা করতে পারলেন না এবং দুঃখিত অন্তরে কেঁদে পরলোকগতা জননীকে নিজের অসামর্থ্য নিবেদন করলেন। পরে এক পণ্ডিতের মুখে শুনেছিলেন, গলিত-কর্ম অবস্থা হলে, অথবা আধ্যাত্মিক উন্নতিতে স্বভাবত কর্ম একেবারে উঠে গেলে এমন হয়; শাস্ত্রবিহিত কর্মানুষ্ঠান করতে না পারলে, তখন তেমন ব্যক্তিকে দোষ স্পর্শ করে না।
ঠাকুরের কেশববাবুকে দেখতে গমন
ঠাকুরের মাতৃবিয়োগের এক বছর আগে শ্রীশ্রীজগদম্বার ইচ্ছায় তাঁর জীবনে একটি বিশেষ ঘটনা ঘটেছিল। সন ১৮২১ সালের চৈত্র মাসের মাঝামাঝি, ইংরেজি ১৮৭৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে ঠাকুরের প্রাণে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের নেতা শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়কে দেখার বাসনা জেগেছিল। যোগারূঢ় ঠাকুর এতে শ্রীশ্রীমাতার ইঙ্গিত দেখেছিলেন, এবং শ্রীযুক্ত কেশব যে তখন কলিকাতার কয়েক মাইল উত্তরে বেলঘরিয়া নামে এক জায়গায় শ্রীযুক্ত জয়গোপাল সেন মহাশয়ের উদ্যানবাটিকায় সশিষ্য সাধনভজনে রত আছেন, তা জানতে পেরে হৃদয়কে সঙ্গে নিয়ে সেই বাগানে উপস্থিত হয়েছিলেন। হৃদয়ের কাছে শুনেছি, তাঁরা কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের গাড়িতে করে গিয়েছিলেন এবং বেলা আন্দাজ একটার সময় সেখানে পৌঁছেছিলেন। ঠাকুরের পরনে সেদিন একখানি লালপেড়ে কাপড় মাত্র ছিল এবং তার কোঁচার খুঁটটি তাঁর বাঁ কাঁধের উপর দিয়ে পিঠে ঝুলছিল।
বেলঘরিয়া উদ্যানে কেশব
গাড়ি থেকে নেমে হৃদয় দেখলেন, শ্রীযুক্ত কেশব অনুচরবর্গের সঙ্গে বাগানের ভিতরে পুকুরের বাঁধা ঘাটে বসে আছেন। এগিয়ে গিয়ে তিনি তাঁকে নিবেদন করলেন, “আমার মামা হরিকথা ও হরিগুণগান শুনতে বড় ভালোবাসেন এবং তা শুনতে শুনতে মহাভাবে তাঁর সমাধি হয়; আপনার নাম শুনে আপনার মুখে ঈশ্বরগুণানুকীর্তন শুনতে তিনি এখানে এসেছেন, আদেশ পেলে তাঁকে এখানে নিয়ে আসব।” শ্রীযুক্ত কেশব সম্মতি জানালে হৃদয় গাড়ি থেকে ঠাকুরকে নামিয়ে সঙ্গে নিয়ে সেখানে গেলেন। কেশব প্রভৃতি সকলে ঠাকুরকে দেখার জন্য এতক্ষণ উদ্গ্রীব হয়ে ছিলেন, তাঁকে দেখে এখন স্থির করলেন, ইনি সামান্য ব্যক্তি মাত্র।
কেশবের সঙ্গে প্রথম আলাপ
ঠাকুর কেশবের কাছে গিয়ে বললেন, “বাবু, তোমরা নাকি ঈশ্বরকে দর্শন করো। সে দর্শন কেমন, তা জানতে বাসনা, সেজন্য তোমাদের কাছে এসেছি।” এভাবে সৎপ্রসঙ্গ আরম্ভ হল। ঠাকুরের সেই কথার উত্তরে শ্রীযুক্ত কেশব কী বলেছিলেন তা বলতে পারি না, কিন্তু কিছুক্ষণ পরে ঠাকুর যে “কে জানে কালী কেমন—ষড়দর্শনে না পায় দরশন”—এই রামপ্রসাদী সংগীতটি গাইতে গাইতে সমাধিস্থ হয়েছিলেন, এ কথা আমরা হৃদয়ের কাছে শুনেছি। ঠাকুরের ভাবাবস্থা দেখে তখন কেশব প্রভৃতি সকলে সেটিকে আধ্যাত্মিক উচ্চাবস্থা বলে মনে করেননি; ভেবেছিলেন, সেটি মিথ্যা ভান বা মস্তিষ্কের বিকারপ্রসূত। সে যা হোক, ঠাকুরের বাহ্যচৈতন্য ফিরিয়ে আনার জন্য হৃদয় এখন তাঁর কানে প্রণব শোনাতে লাগলেন এবং তা শুনতে শুনতে তাঁর মুখমণ্ডল মধুর হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। এভাবে অর্ধবাহ্যাবস্থা লাভ করে ঠাকুর এবার গভীর আধ্যাত্মিক বিষয়গুলি সামান্য সামান্য দৃষ্টান্তের সাহায্যে এমন সরল ভাষায় বোঝাতে লাগলেন যে, সকলে মুগ্ধ হয়ে তাঁর মুখপানে চেয়ে বসে রইলেন। স্নানাহারের সময় পেরিয়ে গেছে, ক্রমে আবার উপাসনার সময় হয়ে আসছে—সে কথা কারও খেয়াল হল না। ঠাকুর তাঁদের এইরকম ভাব দেখে বললেন, “গরুর পালে অন্য কোনো পশু এলে তারা তাকে গুঁতোতে যায়, কিন্তু গরু এলে গা চাটাচাটি করে—আমাদের আজ সেইরকম হয়েছে।” তারপর কেশবকে সম্বোধন করে ঠাকুর বললেন, “তোমার ল্যাজ খসেছে!” শ্রীযুক্ত কেশবের অনুচরবর্গ সে কথার অর্থ হৃদয়ঙ্গম করতে না পেরে যেন অসন্তুষ্ট হল; তা দেখে ঠাকুর তখন কথাটির অর্থ বুঝিয়ে সকলকে মোহিত করলেন। বললেন, “দেখো, ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে ততদিন সে জলেই থাকে, স্থলে উঠতে পারে না; কিন্তু ল্যাজ যখন খসে পড়ে তখন জলেও থাকতে পারে, ড্যাঙাতেও বিচরণ করতে পারে—তেমনই মানুষের যতদিন অবিদ্যারূপ ল্যাজ থাকে, ততদিন সে সংসার-জলেই কেবল থাকতে পারে; সেই ল্যাজ খসে পড়লে, সংসার এবং সচ্চিদানন্দ উভয়েতেই ইচ্ছামতো বিচরণ করতে পারে। কেশব, তোমার মন এখন সেইরকম হয়েছে; সে সংসারেও থাকতে পারে এবং সচ্চিদানন্দেও যেতে পারে!” এমনি করে নানা প্রসঙ্গে অনেকক্ষণ কাটিয়ে ঠাকুর সেদিন দক্ষিণেশ্বরে ফিরে এলেন।
ঠাকুরের ও কেশবের ঘনিষ্ঠ সম্বন্ধ
ঠাকুরের দর্শন পাওয়ার পরে শ্রীযুক্ত কেশবের মন তাঁর প্রতি এত আকৃষ্ট হয়েছিল যে, তখন থেকে তিনি প্রায়ই ঠাকুরের পুণ্য দর্শন লাভ করে কৃতার্থ হওয়ার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে আসতেন এবং মধ্যে মধ্যে তাঁকে কলিকাতায় নিজের ‘কমল কুটির’ নামের বাড়িতে নিয়ে গিয়ে তাঁর দিব্যসঙ্গলাভে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন। ঠাকুর ও কেশবের সম্বন্ধ ক্রমে এত গভীর হয়ে উঠেছিল যে, পরস্পর পরস্পরকে কয়েক দিন দেখতে না পেলে দুজনেই বিশেষ অভাব বোধ করতেন; তখন ঠাকুর কলিকাতায় তাঁর কাছে যেতেন, অথবা শ্রীযুক্ত কেশব দক্ষিণেশ্বরে আসতেন। তা ছাড়া শ্রীযুক্ত কেশব ব্রাহ্মসমাজের উৎসবের সময় প্রতি বছর ঠাকুরের কাছে এসে অথবা ঠাকুরকে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে ঈশ্বরপ্রসঙ্গে একটি দিন কাটানোকে সেই উৎসবের একটি অঙ্গ বলে গণ্য করতেন। এভাবে অনেক বার তিনি সেই সময়ে জাহাজে করে কীর্তন করতে করতে সদলবলে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে তাতে তুলে নিয়ে তাঁর অমৃতময় উপদেশ শুনতে শুনতে গঙ্গাবক্ষে বিচরণ করেছিলেন।
দক্ষিণেশ্বরে এসে কেশবের আচরণ
শ্রীযুক্ত কেশব শাস্ত্রীয় প্রথা মনে রেখে কখনো রিক্তহস্তে দক্ষিণেশ্বরে আসতেন না, কিছু ফলমূল এনে ঠাকুরের সামনে রাখতেন এবং অনুগত শিষ্যের মতো তাঁর পদপ্রান্তে বসে কথাবার্তা বলতেন। ঠাকুর রসিকতা করে তাঁকে একবার বলেছিলেন, “কেশব, তুমি এত লোককে বক্তৃতায় মুগ্ধ কর, আমাকে কিছু বল?” শ্রীযুক্ত কেশব তা শুনে বিনীতভাবে উত্তর দিয়েছিলেন, “মহাশয়, আমি কি কামারের দোকানে ছুঁচ বেচতে বসব! আপনি বলুন, আমি শুনি। আপনার মুখের দু-চারটি কথা লোককে বলামাত্র তারা মুগ্ধ হয়।”
কেশবকে ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ এবং ‘ভাগবৎ, ভক্ত, ভগবান—তিনে এক, একে তিন’—ঠাকুরের বোঝানো
ঠাকুর একদিন কেশবকে দক্ষিণেশ্বরে বুঝিয়েছিলেন যে, ব্রহ্মের অস্তিত্ব স্বীকার করলে সঙ্গে সঙ্গে ব্রহ্মশক্তির অস্তিত্বও স্বীকার করতে হয় এবং ব্রহ্ম ও ব্রহ্মশক্তি সর্বদা অভেদভাবে অবস্থিত। শ্রীযুক্ত কেশব ঠাকুরের এ কথা মেনে নিয়েছিলেন। তারপর ঠাকুর তাঁকে বললেন যে, ব্রহ্ম ও ব্রহ্মশক্তির সম্বন্ধের মতো ভাগবত, ভক্ত ও ভগবান-রূপ তিন পদার্থ অভিন্ন বা নিত্যযুক্ত—ভাগবত, ভক্ত, ভগবান—তিনে এক, একে তিন। কেশব তাঁর এ কথা বুঝে তা-ও মেনে নিলেন। এবার ঠাকুর তাঁকে বললেন, “গুরু, কৃষ্ণ ও বৈষ্ণব তিনে এক, একে তিন—তোমাকে এখন এ কথা বুঝিয়ে দিচ্ছি।” কেশব এ কথায় কী ভেবে—বলতে পারি না—বিনয়নম্রবচনে বললেন, “মহাশয়, আগে যা বলেছেন, তার বেশি এখন আর অগ্রসর হতে পারছি না; অতএব এই প্রসঙ্গ এখন আর উত্থাপনের প্রয়োজন নেই।” ঠাকুরও তা শুনে বললেন, “বেশ বেশ, এখন ঐ পর্যন্ত থাক।” পাশ্চাত্যভাবে ভাবিত শ্রীযুক্ত কেশবের মন এভাবে ঠাকুরের দিব্যসঙ্গলাভে জীবনে বিশেষ আলো উপলব্ধি করেছিল এবং বৈদিক ধর্মের সার-রহস্য দিন দিন বুঝতে পেরে সাধনায় নিমগ্ন হয়েছিল। ঠাকুরের সঙ্গে পরিচিত হওয়ার পর থেকে তাঁর ধর্মমত যে দিন দিন পরিবর্তিত হয়েছিল, তা থেকেই এ কথা বিশেষভাবে হৃদয়ঙ্গম হয়।
১৮৭৮ খ্রিস্টাব্দের ৬ই মার্চ কুচবিহার বিবাহ—সেই সময়ে আঘাত পেয়ে কেশবের আধ্যাত্মিক গভীরতা লাভ—এই বিবাহ সম্বন্ধে ঠাকুরের মত
আঘাত না পেলে মানবমন সংসার থেকে উত্থিত হয়ে ঈশ্বরকে নিজের সর্বস্ব বলে ধারণ করতে পারে না। ঠাকুরের সঙ্গে পরিচিত হওয়ার প্রায় তিন বছর পরে শ্রীযুক্ত কেশব কুচবিহার প্রদেশের রাজার সঙ্গে নিজের কন্যার বিবাহ দিয়ে তেমনই আঘাত পেয়েছিলেন। সেই বিবাহ নিয়ে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে বিশেষ আন্দোলন দেখা দিল, তাতে সমাজ বিভক্ত হয়ে গেল এবং শ্রীযুক্ত কেশবের বিরুদ্ধপক্ষীয়েরা নিজেদের পৃথক করে ‘সাধারণ ব্রাহ্মসমাজ’ নাম দিয়ে অন্য এক নতুন সমাজ সৃষ্টি করে বসলেন। ঠাকুর দক্ষিণেশ্বরে বসে সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের এইরকম বিরোধের কথা শুনে মর্মাহত হয়েছিলেন। কন্যার বিবাহযোগ্য বয়স সম্বন্ধে ব্রাহ্মসমাজের নিয়ম শুনে তিনি বলেছিলেন, “জন্ম, মৃত্যু, বিবাহ ঈশ্বরেচ্ছাধীন ব্যাপার। ওগুলিকে কঠিন নিয়মে নিবদ্ধ করা চলে না, কেশব কেন অমন করতে গিয়েছিল!” কুচবিহার-বিবাহের কথা তুলে ঠাকুরের কাছে যদি কেউ শ্রীযুক্ত কেশবের নিন্দাবাদ করত, তাহলে তিনি তাকে উত্তরে বলতেন, “কেশব এতে নিন্দনীয় এমন কী করেছে? কেশব সংসারী, নিজের ছেলেমেয়েদের যাতে কল্যাণ হয়, তা করবে না? সংসারী ব্যক্তি ধর্মপথে থেকে অমন করলে নিন্দার কথা কী আছে? কেশব তাতে ধর্মহানিকর কিছুই করেনি, বরং পিতার কর্তব্য পালন করেছে।” ঠাকুর এভাবে সংসারধর্মের দিক দিয়ে দেখে কেশবের সেই ঘটনাটিকে নির্দোষ বলে সর্বদা প্রতিপন্ন করতেন। সে যা হোক, কুচবিহার-বিবাহের ঘটনায় বিষম আঘাত পেয়ে শ্রীযুক্ত কেশব যে আপনাতে আপনি ডুবে গিয়ে দিন দিন আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হয়েছিলেন, তাতে সন্দেহ নেই।
ঠাকুরের ভাব কেশব সম্পূর্ণভাবে ধরতে পারেননি—ঠাকুরের প্রতি কেশবের দুই রকম আচরণ
পাশ্চাত্যভাবে ভাবিত শ্রীযুক্ত কেশব ঠাকুরের বিশেষ ভালোবাসা লাভ করে এবং তাঁকে দেখার বহু সুযোগ পেয়েও কিন্তু তাঁকে সম্যক বুঝেছিলেন কি না, সন্দেহ আছে। কারণ, দেখা যায়, এক দিকে তিনি ঠাকুরকে জীবন্ত ধর্মমূর্তি বলে জ্ঞান করতেন—নিজের বাড়িতে নিয়ে গিয়ে, তিনি যেখানে শুতেন, খেতেন, বসতেন ও সমাজের কল্যাণচিন্তা করতেন, সেই সব জায়গা ঠাকুরকে স্বয়ং দেখিয়ে আশীর্বাদ করতে বলেছিলেন, যাতে সেসব জায়গার কোথাও থাকার সময় তাঁর মন ঈশ্বরকে ভুলে সংসারচিন্তা না করে—আবার যেখানে বসে ঈশ্বরচিন্তা করতেন, ঠাকুরকে সেখানে নিয়ে গিয়ে তাঁর শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেছিলেন।[3] আমাদের অনেকে দেখেছে, তিনি দক্ষিণেশ্বরে এসে ‘জয় বিধানের জয়’ বলে ঠাকুরকে প্রণাম করছেন।
নববিধান ও ঠাকুরের মত
তেমনই অন্য দিকে আবার দেখা গেছে, তিনি ঠাকুরের ‘সর্ব ধর্ম সত্য—যত মত, তত পথ’—এই বাক্য সম্যক গ্রহণ করতে না পেরে নিজের বুদ্ধির সাহায্যে সব ধর্মমত থেকে সারভাগ নিয়ে এবং অসারভাগ ত্যাগ করে ‘নববিধান’ আখ্যা দিয়ে এক নতুন মত স্থাপন করতে সচেষ্ট হয়েছিলেন। ঠাকুরের সঙ্গে পরিচিত হওয়ার কিছুকাল পরে এই মতের আবির্ভাব হয়েছিল—এ থেকে হৃদয়ঙ্গম হয়, শ্রীযুক্ত কেশব সর্ব ধর্মমত সম্বন্ধে ঠাকুরের চরম মীমাংসাটিকে এইরকম আংশিকভাবে প্রচার করেছিলেন।
ভারতের জাতীয় সমস্যা ঠাকুরই সমাধান করেছেন
পাশ্চাত্য বিদ্যা ও সভ্যতার প্রবল তরঙ্গ এসে যখন ভারতের প্রাচীন ব্রহ্মবিদ্যা ও সামাজিক রীতি-নীতি প্রভৃতির আমূল পরিবর্তন ঘটাতে বসল, তখন ভারতের প্রত্যেক মনীষী ব্যক্তি প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষা ও ধর্ম প্রভৃতির মধ্যে একটা সামঞ্জস্য আনতে সচেষ্ট হয়েছিলেন। শ্রীযুক্ত রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ, ব্রহ্মানন্দ কেশব প্রভৃতি মনীষীরা বঙ্গদেশে যেমন সেই চেষ্টায় জীবনপাত করেছেন, ভারতের অন্যত্রও তেমনই অনেক মহাত্মার একই কাজ করার কথা শোনা যায়। কিন্তু ঠাকুরের আবির্ভাবের আগে তাঁদের কেউই এই সমস্যার সম্পূর্ণ সমাধান করে যেতে পারেননি। ঠাকুর নিজের জীবনে ভারতের ধর্মমতগুলির সাধনা যথাযথ সম্পন্ন করে এবং সেগুলির প্রত্যেকটিতে সাফল্য লাভ করে বুঝলেন যে, ভারতের ধর্ম ভারতের অবনতির কারণ নয়; সে কারণ অন্যত্র অনুসন্ধান করতে হবে। দেখালেন যে, সেই ধর্মের ভিত্তির উপর দাঁড়িয়েই ভারতের সমাজ, রীতি, নীতি, সভ্যতা প্রভৃতি সব বিষয় প্রাচীনকালে ভারতকে গৌরবসম্পদে প্রতিষ্ঠিত করেছিল। এখনো এই ধর্মের সেই জীবন্ত শক্তি রয়েছে এবং তাকে সর্বতোভাবে অবলম্বন করে আমরা সব বিষয়ে সচেষ্ট হলে তবেই সব বিষয়ে সিদ্ধকাম হতে পারব, নইলে নয়। এই ধর্ম যে মানুষকে কতটা উদার করতে পারে, তা ঠাকুর সবার আগে নিজের জীবনাদর্শে দেখিয়ে গেলেন; পরে পাশ্চাত্যভাবে ভাবিত নিজের শিষ্যবর্গের—বিশেষত স্বামী বিবেকানন্দের—ভিতর সেই উদার ধর্মশক্তি সঞ্চার করে, সংসারের সব কাজ কীভাবে ধর্মের সহায়করূপে সম্পন্ন করতে হবে, তা তাদের শিক্ষা দিয়ে ভারতের সেই জাতীয় সমস্যার এক অপূর্ব সমাধান করে গেলেন। সর্ব ধর্মমতের সাধনে সাফল্য লাভ করে ঠাকুর যেমন পৃথিবীর আধ্যাত্মিক বিরোধ তিরোহিত করার উপায় নির্ধারণ করে গেছেন—ভারতীয় সব ধর্মমতের সাধনায় সিদ্ধ হয়ে তেমনই আবার তিনি ভারতের ধর্মবিরোধ নাশ করে, কোন বিষয়ের অবলম্বনে আমাদের জাতিত্ব সর্বকাল ধরে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এবং ভবিষ্যতে থাকবে, তা-ও নির্দেশ করে গেছেন।
কেশবের দেহত্যাগে ঠাকুরের আচরণ
সে যা হোক, শ্রীযুক্ত কেশবের প্রতি ঠাকুরের ভালোবাসা কতটা গভীর ছিল, তা আমরা ১৮৮৪ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কেশবের শরীর-রক্ষার পরে ঠাকুরের আচরণ থেকে সম্যক হৃদয়ঙ্গম করতে পারি। ঠাকুর বলেছিলেন, ‘সে সংবাদ শুনে আমি তিন দিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। মনে হয়েছিল, যেন আমার একটা অঙ্গ (পক্ষাঘাতে) পড়ে গেছে।’
ঠাকুরের সংকীর্তনে শ্রীগৌরাঙ্গদেবকে দর্শন
কেশবের সঙ্গে প্রথম পরিচয়ের পরে ঠাকুরের জীবনের অন্য একটি ঘটনা এখানে উল্লেখ করে আমরা এই অধ্যায় শেষ করব। ঠাকুরের সেই সময়ে শ্রীশ্রীচৈতন্যদেবের সর্বজন-মোহকর নগরকীর্তন দেখার বাসনা হয়েছিল। শ্রীশ্রীজগদম্বা তখন তাঁকে এইভাবে সেই নগরকীর্তন দেখিয়ে পূর্ণমনোরথ করেছিলেন—নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে ঠাকুর দেখেছিলেন, পঞ্চবটীর দিক থেকে অদ্ভুত সংকীর্তনতরঙ্গ তাঁর দিকে এগিয়ে এসে দক্ষিণেশ্বর-উদ্যানের প্রধান ফটকের দিকে প্রবাহিত হচ্ছে এবং বৃক্ষান্তরালে লীন হয়ে যাচ্ছে; দেখলেন, নবদ্বীপচন্দ্র শ্রীশ্রীগৌরাঙ্গদেব, শ্রীনিত্যানন্দ ও শ্রীঅদ্বৈতপ্রভুকে সঙ্গে নিয়ে ঈশ্বরপ্রেমে তন্ময় হয়ে সেই জনতরঙ্গের মধ্যভাগে ধীরপদে আসছেন এবং চারপাশের সকলে তাঁর প্রেমে তন্ময় হয়ে কেউ বা অবশভাবে এবং কেউ বা উদ্দাম তাণ্ডবে নিজ নিজ অন্তরের উল্লাস প্রকাশ করছে। জনতা এত বেশি যে, মনে হচ্ছে লোকের যেন আর অন্ত নেই। সেই অদ্ভুত সংকীর্তনদলের মধ্যে কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিপটে উজ্জ্বলবর্ণে অঙ্কিত হয়ে গিয়েছিল এবং সেই দর্শনের কিছুকাল পরে তাদেরকে নিজের ভক্তরূপে আসতে দেখে, ঠাকুর তাদের সম্বন্ধে স্থির সিদ্ধান্ত করেছিলেন যে, পূর্বজীবনে তারা শ্রীচৈতন্যদেবের সাঙ্গোপাঙ্গ ছিল।
ঠাকুরের ফুলুই-শ্যামবাজারে গমন ও অপূর্ব কীর্তনানন্দ—এই ঘটনার সময়নিরূপণ
সে যা হোক, সেই দর্শনের কিছুকাল পরে ঠাকুর কামারপুকুরে এবং হৃদয়ের বাড়ি শিহড়গ্রামে গিয়েছিলেন। শিহড় থেকে কয়েক ক্রোশ দূরে ফুলুই-শ্যামবাজার নামে একটি জায়গা। সেখানে অনেক বৈষ্ণবের বসতি আছে এবং তারা নিত্য কীর্তনাদি করে জায়গাটিকে আনন্দপূর্ণ করে রাখে—এ কথা শুনে ঠাকুরের সেখানে গিয়ে কীর্তন শোনার অভিলাষ হল। শ্যামবাজার গ্রামের পাশেই বেলটে নামে একটি গ্রাম। সেই গ্রামের শ্রীযুক্ত নটবর গোস্বামী ঠাকুরকে আগেই দেখেছিলেন এবং নিজের বাড়িতে পদধূলি দেওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন। ঠাকুর তখন হৃদয়কে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে গিয়ে সাত দিন ছিলেন এবং শ্যামবাজারের বৈষ্ণবদের কীর্তনানন্দ দেখেছিলেন। সেখানকার শ্রীযুক্ত ঈশানচন্দ্র মল্লিক তাঁর সঙ্গে পরিচিত হয়ে তাঁকে নিজের বাড়িতে কীর্তনানন্দে সাদরে আহ্বান করেছিলেন। কীর্তনের সময় তাঁর অপূর্ব ভাব দেখে বৈষ্ণবেরা বিশেষ আকর্ষণ অনুভব করল এবং ক্রমে সর্বত্র সে কথা ছড়িয়ে পড়ল। শুধু শ্যামবাজার গ্রামেই যে সে কথা ছড়িয়েছিল, তা নয়। রামজীবনপুর, কৃষ্ণগঞ্জ প্রভৃতি চারপাশের দূর দূরান্তরের গ্রামগুলিতেও সে কথা রাষ্ট্র হয়ে গেল। ক্রমে সেই সব গ্রাম থেকে দলে দলে সংকীর্তনদল তাঁর সঙ্গে আনন্দ করতে এসে শ্যামবাজারকে বিষম জনতাপূর্ণ করে তুলল এবং দিনরাত কীর্তন চলতে লাগল। ক্রমে রব উঠল যে, একজন ভগবদ্ভক্ত এই মুহূর্তে মৃত এবং পরক্ষণেই জীবিত হয়ে উঠছে! তখন ঠাকুরকে দর্শনের জন্য লোকে গাছে চড়ে, ঘরের চালে উঠে, আহার-নিদ্রা ভুলে উদ্গ্রীব হয়ে থাকত। এভাবে সাত দিনরাত সেখানে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল; লোকে ঠাকুরকে দেখার ও তাঁর পাদস্পর্শ করার জন্য যেন উন্মত্ত হয়ে উঠেছিল এবং ঠাকুর স্নানাহারের অবকাশ পর্যন্ত পাননি! পরে হৃদয় তাঁকে নিয়ে লুকিয়ে শিহড়ে পালিয়ে এলে সেই আনন্দমেলার অবসান হল। শ্যামবাজার গ্রামের ঈশান চৌধুরী, নটবর গোস্বামী, ঈশান মল্লিক, শ্রীনাথ মল্লিক প্রভৃতি ব্যক্তিরা ও তাঁদের বংশধরেরা সেই ঘটনার কথা এখনো বলেন এবং ঠাকুরের প্রতি বিশেষ ভক্তি-শ্রদ্ধা দেখান। কৃষ্ণগঞ্জের প্রসিদ্ধ খোলবাদক শ্রীযুক্ত রাইচরণ দাসের সঙ্গেও ঠাকুরের পরিচয় হয়েছিল। এঁর খোল বাজানো শুনলেই ঠাকুরের ভাবাবেশ হত। ঘটনাটির এই বিবরণ আমরা কিছুটা ঠাকুরের কাছে এবং কিছুটা হৃদয়ের কাছে শুনেছিলাম। সেই ঘটনার সময় আমরা এইভাবে নিরূপণ করতে পেরেছি –
সিঁথির বরানগর-আলমবাজার-নিবাসী ঠাকুরের পরমভক্ত শ্রীযুক্ত মহেন্দ্রলাল পাল কবিরাজ মহাশয় কেশববাবুর পরে ঠাকুরের দর্শনলাভ করেছিলেন। তিনি আমাদের বলেছিলেন যে, ঠাকুরকে যখন তিনি প্রথমবার দর্শন করতে গিয়েছিলেন, তখন ঠাকুর ওই ঘটনার পরে শিহড় থেকে ফিরে এসেছেন অল্পদিন মাত্র। ঠাকুর সেদিন শ্রীযুক্ত মহেন্দ্রবাবুর কাছে ফুলুই-শ্যামবাজারের ঘটনার গল্প করেছিলেন।
৺যোগানন্দ স্বামীজীর বাড়ি দক্ষিণেশ্বর মন্দিরের অনতিদূরে ছিল। সেজন্য তাঁর কথা ছেড়ে দিলে, ঠাকুরের চিহ্নিত ভক্তেরা সন ১২৮৫ সাল, ইংরেজি ১৮৭৯ খ্রিস্টাব্দ থেকে তাঁর কাছে আসতে আরম্ভ করেন। স্বামী বিবেকানন্দ সন ১২৮৮ সালে, ইংরেজি ১৮৮১ খ্রিস্টাব্দে তাঁর কাছে এসেছিলেন। ১৮৮১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের প্রথম তারিখে শ্রীমতী জগদম্বা দাসী মারা যান। এই ঘটনার ছয় মাস আন্দাজ পরে হৃদয় বুদ্ধিহীনতার বশে মথুরবাবুর অল্পবয়সী পৌত্রীর চরণ পূজা করে। মেয়েটির বাবা এতে তার অকল্যাণের আশঙ্কা করে বিশেষ রুষ্ট হন এবং হৃদয়কে কালীবাড়ির কাজ থেকে চিরকালের জন্য বিদায় দেন।
বইয়ের ঘটনাবলির সময়নিরূপণের তালিকা
ঠাকুরের জন্ম সন ১২৪২ সালের ৬ ফাল্গুন, বুধবার, ব্রাহ্মমুহূর্তে, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, ইংরেজি ১৮৩৬ খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি তারিখে সূর্যোদয়ের কিছু আগে হয়েছিল।
সনখ্রিস্টাব্দঘটনা
১২৫৯১৮৫২— ১৮৫৩কলিকাতার চতুষ্পাঠীতে আগমন। (ঠাকুরের বয়স ১৬ বছর পূর্ণ হয়ে কয়েক মাস) ।
১২৬০১৮৫৩— ১৮৫৪চতুষ্পাঠীতে বাস, পাঠ ও পূজাদি।
১২৬১১৮৫৪— ১৮৫৫ঐ ঐ।
১২৬২১৮৫৫— ১৮৫৬১৮ জ্যৈষ্ঠ দক্ষিণেশ্বরের মন্দিরপ্রতিষ্ঠা; ঠাকুর কালীমন্দিরে বেশকারীর পদে ও হৃদয় সাহায্যকারীর পদে নিযুক্ত; বিষ্ণুবিগ্রহ ভগ্ন হওয়া, ঠাকুরের বিষ্ণুঘরের পূজকের পদগ্রহণ; ১৪ ভাদ্র, ইং ২৯ আগস্ট রানীর দেবসেবার জন্য জমিদারি কেনা; কেনারাম ভট্টের কাছে ঠাকুরের দীক্ষাগ্রহণ; ঠাকুরের ৺কালীপূজকের ও রামকুমারের বিষ্ণুপূজকের পদগ্রহণ।
১২৬৩১৮৫৬— ১৮৫৭হৃদয়ের বিষ্ণুপূজকের পদগ্রহণ; রামকুমারের মৃত্যু; ঠাকুরের পাপপুরুষ দগ্ধ হওয়া ও গাত্রদাহ; ঠাকুরের প্রথমবার দেবোন্মত্তভাব ও দর্শন; ভূকৈলাসের বৈদ্যের ওষুধ খাওয়া।
১২৬৪১৮৫৭— ১৮৫৮ঠাকুরের রাগানুগা পূজা দেখে মথুরের আশ্চর্য হওয়া; রানী রাসমণিকে ঠাকুরের দণ্ডদান; হলধারীর পূজকরূপে নিযুক্ত হওয়া ও ঠাকুরকে অভিশাপ।
১২৬৫১৮৫৮— ১৮৫৯আশ্বিন বা কার্তিকে ঠাকুরের কামারপুকুর গমন; চণ্ড নামানো।
১২৬৬১৮৫৯— ১৮৬০বৈশাখ মাসে ঠাকুরের বিবাহ।
১২৬৭১৮৬০— ১৮৬১ঠাকুরের দ্বিতীয়বার জয়রামবাটী গমন; পরে কলিকাতায় ফিরে আসা; মথুরের শিব ও কালীরূপে ঠাকুরকে দর্শন; ঠাকুরের দ্বিতীয়বার দেবোন্মত্ততা ও কবিরাজ গঙ্গাপ্রসাদের চিকিৎসা; ১৮৬১, ১৮ ফেব্রুয়ারি তারিখে রানী রাসমণির দেবোত্তর দলিলে সহি করা ও পরদিন মৃত্যু; ঠাকুরের জননীর বুড়ো শিবের কাছে হত্যা দেওয়া; ব্রাহ্মণীর আগমন ও ঠাকুরের তন্ত্রসাধন আরম্ভ।
১২৬৯১৮৬২— ১৮৬৩ঠাকুরের তন্ত্রসাধন সম্পূর্ণ হওয়া।
১২৭০১৮৬৩— ১৮৬৪পদ্মলোচন পণ্ডিতের সঙ্গে দেখা; মথুরের অন্নমেরু-অনুষ্ঠান; ঠাকুরের জননীর গঙ্গাবাস করতে আগমন; জটাধারীর আগমন, ঠাকুরের বাৎসল্য ও মধুরভাব-সাধন।
১২৭১১৮৬৪— ১৮৬৫তোতাপুরীর আগমন ও ঠাকুরের সন্ন্যাস গ্রহণ।
১২৭২১৮৬৫— ১৮৬৬হলধারীর কাজ থেকে অবসরগ্রহণ ও অক্ষয়ের পূজকের পদগ্রহণ; শ্রীমৎ তোতাপুরীর দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়া।
১২৭৩১৮৬৬— ১৮৬৭ঠাকুরের ছয়মাস কাল অদ্বৈতভূমিতে অবস্থান সম্পূর্ণ হওয়া; শ্রীমতী জগদম্বা দাসীর কঠিন পীড়া আরোগ্য করা; পরে ঠাকুরের শারীরিক পীড়া ও মুসলমানধর্ম সাধন।
১২৭৪১৮৬৭— ১৮৬৮ব্রাহ্মণী ও হৃদয়ের সঙ্গে ঠাকুরের কামারপুকুরে গমন; শ্রীশ্রীমার কামারপুকুরে আগমন; অগ্রহায়ণ মাসে ঠাকুরের কলিকাতায় ফিরে আসা ও মাঘ মাসে তীর্থযাত্রা।
১২৭৫১৮৬৮— ১৮৬৯জ্যৈষ্ঠ মাসে ঠাকুরের তীর্থ থেকে ফিরে আসা; হৃদয়ের প্রথম স্ত্রীর মৃত্যু এবং দুর্গোৎসব ও দ্বিতীয়বার বিবাহ।
১২৭৬১৮৬৯— ১৮৭০অক্ষয়ের বিবাহ ও মৃত্যু।
১২৭৭১৮৭০— ১৮৭১মথুরের বাড়িতে ও গুরুগৃহে ঠাকুরের গমন; কলুটোলায় শ্রীশ্রীচৈতন্যদেবের আসনগ্রহণ; পরে কালনা, নবদ্বীপ ও ভগবানদাস বাবাজীকে দর্শন।
১২৭৮১৮৭১— ১৮৭২জুলাই মাসের ১৬ তারিখে (১ শ্রাবণ) মথুরের মৃত্যু; ফাল্গুন মাসে রাত্রি ৯টার সময় শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে প্রথম আগমন।
১২৭৯১৮৭২— ১৮৭৩শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে বাস।
১২৮০১৮৭৩— ১৮৭৪জ্যৈষ্ঠ মাসে ঠাকুরের ৺ষোড়শী-পূজা; শ্রীশ্রীমার গৌরী পণ্ডিতকে দর্শন ও আন্দাজ আশ্বিনে (১৮৭৩, সেপ্টেম্বর) কামারপুকুরে ফিরে যাওয়া; অগ্রহায়ণে রামেশ্বরের মৃত্যু।
১২৮১১৮৭৪— ১৮৭৫ (আন্দাজ ১৮৭৫ এপ্রিল) শ্রীশ্রীমার দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আসা; শম্ভু মল্লিকের ঘর করে দেওয়া; চানকে ৺অন্নপূর্ণাদেবীর মন্দির প্রতিষ্ঠা; ঠাকুরের শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে প্রথমবার দেখা।
১২৮২১৮৭৫— ১৮৭৬ (আন্দাজ ১৮৭৫ নভেম্বর) অসুস্থ হয়ে শ্রীশ্রীমার পিত্রালয়ে গমন; ঠাকুরের জননীর মৃত্যু।
১২৮৩১৮৭৬— ১৮৭৭কেশবের সঙ্গে ঠাকুরের ঘনিষ্ঠ সম্বন্ধ।
১২৮৪১৮৭৭— ১৮৭৮কেশবের সঙ্গে ঠাকুরের ঘনিষ্ঠ সম্বন্ধ। (আন্দাজ ১৮৭৭, নভেম্বর) শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে আগমন।
১২৮৫১৮৭৮— ১৮৭৯ঠাকুরের চিহ্নিত ভক্তদের আগমন আরম্ভ।
১২৮৭১৮৮০— ১৮৮১শ্রীশ্রীমার আবার দক্ষিণেশ্বরে আগমন ও হৃদয়ের কটু কথায় আবার সেদিনই চলে যাওয়া; শ্রীমতী জগদম্বা দাসীর মৃত্যু।
১২৮৮১৮৮১— ১৮৮২হৃদয়ের পদচ্যুতি ও দক্ষিণেশ্বর থেকে অন্যত্র গমন; ঠাকুরের কাছে শ্রীবিবেকানন্দ স্বামীর আগমন।
[1] শ্রীমৎ প্রেমানন্দ স্বামী।
[2] ঠাকুরের ভক্তদের মধ্যে কেউ কেউ বলেন, তাঁরা ঠাকুরকে বলতে শুনেছেন যে, মথুরবাবুর মৃত্যুর পরে পানিহাটিনিবাসী শ্রীযুক্ত মণিমোহন সেন তাঁর প্রয়োজনীয় দ্রব্যাদি জোগানোর ভার নিয়েছিলেন। শ্রীযুক্ত মণিমোহন তখন ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধাবান হয়ে উঠেছিলেন এবং সর্বদাই তাঁর কাছে যাতায়াত করতেন। তাঁর পরে শম্ভুবাবু সেই সেবাভার গ্রহণ করেছিলেন। আমাদের মনে হয়, ঠাকুর স্বয়ং যখন শম্ভুবাবুকে নিজের দ্বিতীয় রসদদার বলে অভিহিত করেছেন, তখন মণিবাবু ঠাকুরের সেবাভার গ্রহণ করলেও বেশি দিন তা চালিয়ে যেতে পারেননি।
[3] শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের কাছে আমরা এই ঘটনা শুনেছি।
শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গে গুরুভাব প্রকাশিত হল। ঠাকুরের সাধনকালের সময় থেকে বিশেষ প্রকটভাবের আগে পর্যন্ত জীবনের ঘটনাবলিই এতে প্রধানত সন্নিবেশিত হয়েছে। তবে কেবলমাত্র এই সব ঘটনা বা ঠাকুরের সেই সময়ের কার্যকলাপ লিপিবদ্ধ করেই আমরা ক্ষান্ত হইনি। মনের যে ভাবের দ্বারা পরিচালিত হয়ে, যে উদ্দেশ্যে তিনি সেই সব কাজ করেছিলেন, তারও যথাযথ আলোচনা করেছি। কারণ, শরীর ও মনের সমষ্টিভূত মানবের জীবনেতিহাস কেবলমাত্র তার জড় দেহ ও সেই দেহের কার্যকলাপের পুঙ্খানুপুঙ্খ অনুশীলনে পাওয়া যায় না। জীবনী ও ইতিহাস লিখতে গিয়ে জড়বাদী পাশ্চাত্য দক্ষতার পরিচয় দেয় প্রধানত ঘটনাবলির সংগ্রহেই, এবং আত্মবাদী হিন্দু মনোনিবেশ করে মনোভাবের সুনিপুণ সংস্থানেই। আমাদের ধারণা, এই উভয় ভাবের সম্মিলনেই যথার্থ জীবনী বা ইতিহাস সম্ভব, এবং মনের ইতিহাসকে সামনে রেখেই সর্বত্র জড়ের কার্যকলাপ লিপিবদ্ধ করা কর্তব্য।
আর এক কথা, শ্রীরামকৃষ্ণদেবের অলৌকিক জীবন আমরা বর্তমান গ্রন্থে শাস্ত্রের সাহায্যেও অনেক জায়গায় অনুশীলন করেছি; তাঁর অসাধারণ মনোভাব, অনুভব ও কার্যকলাপের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শঙ্কর, চৈতন্য প্রভৃতি ভারতের এবং ঈশাদি ভারতেতর দেশের মহাপুরুষদের অনুভব ও কার্যকলাপের তুলনামূলক আলোচনা করতে বাধ্য হয়েছি। কারণ ঠাকুর আমাদের কাছে স্পষ্টাক্ষরে বারংবার নির্দেশ করে বলেছেন যে, পূর্ব পূর্ব যুগে, “যে রাম, যে কৃষ্ণ (ইত্যাদি হয়েছিল) সে-ই ইদানীং (নিজের শরীর দেখিয়ে) এই খোলটার ভিতর রয়েছে!” —এবং “এখানকার (আমার) অনুভবগুলি বেদ-বেদান্ত ছাড়িয়ে গেছে!” বাস্তবিক, ‘ভাবমুখে’ অবস্থিত শ্রীরামকৃষ্ণদেবের জীবন যতদূর সম্ভব নিরপেক্ষভাবে আলোচনা করতে গিয়ে আমাদের বাধ্য হয়েই স্বীকার করতে হয়েছে যে, এমন অলৌকিক জীবন আধ্যাত্মিক জগতে এর আগে আর দেখা যায়নি।
আবার পূর্ব পূর্ব অবতারদের মতানুগ হয়ে সকলপ্রকার সাধনমার্গে অল্পদিনেই সিদ্ধিলাভ করে তিনি ‘যত মত তত পথ’-রূপ যে নতুন তত্ত্ব আবিষ্কার ও লোকহিতের জন্য ঘোষণা করেছেন, তা আলোচনা করে আমরা তাঁকে পূর্ব পূর্ব যুগে আবির্ভূত সকল অবতারপুরুষের ঘনীভূত সমষ্টি ও নবাভিব্যক্তি বলে বুঝতেই বাধ্য হয়েছি। বাস্তবিকই আমরা শ্রীরামকৃষ্ণদেবের অদৃষ্টপূর্ব পবিত্র জীবনের যতই অনুশীলন করেছি, ততই সেই জীবনকে বৈদিক সার্বজনীন ও সনাতন অধ্যাত্মভাববৃক্ষের সারসমষ্টি থেকে সমুদ্ভূত প্রথমোৎপন্ন ফল বলেই নির্ধারণ করতে বাধ্য হয়েছি।
শ্রীরামকৃষ্ণপদাশ্রিত পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের ধর্মপ্রচারের পর থেকে শ্রীরামকৃষ্ণ-জীবনকথা জানার জন্য সাধারণের আগ্রহ দেখে বর্তমানে অনেকে সে সম্বন্ধে অনেক কথা লিপিবদ্ধ করলেও, এই অলোকসামান্য জীবনের সঙ্গে সনাতন হিন্দু বা বৈদিক ধর্মের যে নিগূঢ় সম্বন্ধ রয়েছে, তা স্পষ্টভাবে দেখিয়ে কেউই এ পর্যন্ত সেই জীবনের অনুশীলন করেননি বললেও অত্যুক্তি হয় না। ফলে শ্রীরামকৃষ্ণদেব যেন সনাতন হিন্দুধর্ম থেকে বিচ্ছিন্ন পৃথক এক ব্যক্তি, এবং এক সাম্প্রদায়িক মতেরই সৃষ্টি করে গেছেন—এমন বিপরীত ধারণাই এই সব বই পড়লে মনে জাগে। আবার সেসব গ্রন্থের মধ্যে অনেকগুলি ঠাকুরের জীবনাখ্যায়িকা সম্বন্ধে নানা ভ্রমপ্রমাদে পূর্ণ, এবং অন্যগুলিতে এই সব জীবনঘটনার প্রকৃত অর্থ এবং পূর্বাপর সম্বন্ধ ও পারম্পর্য দেখা যায় না। সাধারণের এই ধারণা কিছুটা দূর করার জন্য সেই মহদুদার জীবন আমাদের কাছে যেভাবে প্রতিভাত হয়েছে, এবং যে ভাব উপলব্ধি করে শ্রীবিবেকানন্দ প্রমুখ আমরা ঠাকুরের শ্রীপাদপদ্মে জীবন উৎসর্গ করেছি, তারই কিছু স্বামী শ্রীবিবেকানন্দের পদানুগ হয়ে বর্তমান গ্রন্থে পাঠককে বলার প্রযত্ন করেছি। ঠাকুরের অলৌকিক জীবনাদর্শ যদি এতে কিছুটাও যথার্থভাবে অঙ্কিত হয়ে থাকে, তবে তা তাঁরই গুণে হয়েছে; এবং যা কিছু অসম্পূর্ণতা ও অঙ্গহানি রয়ে গেছে, তা আমাদের বোঝার ও বলার দোষেই হয়েছে, পাঠক এ কথা বুঝে নেবেন। ভবিষ্যতে ঠাকুরের অমূল্য জীবনের পূর্ব ও শেষভাগের পরিচয়ও এভাবে পাঠককে উপহার দেওয়ার ইচ্ছা আমাদের রইল। এখন ‘ভাবমুখে’ অবস্থিত দুরবগাহী শ্রীরামকৃষ্ণ-জীবনের সঙ্গে সনাতন বৈদিক ধর্মের নিগূঢ় সম্বন্ধ আলোচনা করে স্বামী শ্রীবিবেকানন্দ যে সূত্রগুলি নিবদ্ধ করে গেছেন, সেগুলিই এখানে পাঠকের সামনে তুলে ধরে আমরা গ্রন্থ আরম্ভ করছি।
অলমিতি –
বিনীত
গ্রন্থকার
আচণ্ডালাপ্রতিহতরয়ো যস্য প্রেমপ্রবাহঃ
লোকাতীতোঽপ্যহহ ন জহৌ লোককল্যাণমার্গম্।
ত্রৈলোক্যেঽপ্যপ্রতিমমহিমা জানকীপ্রাণবন্ধঃ
ভক্ত্যা জ্ঞানং বৃতবরবপুঃ সীতয়া যো হি রামঃ॥
স্তব্ধীকৃত্য প্রলয়কলিতম্বাহবোত্থং মহান্তম্
হিত্বা রাত্রিং প্রকৃতিসহজামন্ধতামিস্রমিশ্রাম্।
গীতং শান্তং মধুরমপি যঃ সিংহনাদং জগৰ্জ
সোঽয়ং জাতঃ প্রথিতপুরুষো রামকৃষ্ণস্ত্বিদানীম্॥[1]
শাস্ত্র শব্দে অনাদি অনন্ত ‘বেদ’ বোঝা যায়। ধর্মশাসনে এই বেদই একমাত্র সক্ষম।
পুরাণাদি অন্যান্য গ্রন্থ স্মৃতিশব্দবাচ্য; এবং তাদের প্রামাণ্য, যতদূর তারা শ্রুতিকে অনুসরণ করে, ততদূর।
‘সত্য’ দুই প্রকার:—
(১) যা মানব-সাধারণের পঞ্চেন্দ্রিয়গ্রাহ্য ও তার উপর প্রতিষ্ঠিত অনুমানের দ্বারা গৃহীত।
(২) যা অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তিগ্রাহ্য।
প্রথম উপায়ে সংকলিত জ্ঞানকে ‘বিজ্ঞান’ বলা যায়। দ্বিতীয় প্রকারের সংকলিত জ্ঞানকে ‘বেদ’ বলা যায়।
‘বেদ’ নামের অনাদি অনন্ত অলৌকিক জ্ঞানরাশি সদা বিদ্যমান; সৃষ্টিকর্তা স্বয়ং তার সহায়তায় এই জগতের সৃষ্টি-স্থিতি-প্রলয় করছেন।
এই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন, তাঁর নাম ঋষি, এবং সেই শক্তির দ্বারা তিনি যে অলৌকিক সত্য উপলব্ধি করেন, তার নাম ‘বেদ’।
এই ঋষিত্ব ও বেদদ্রষ্টৃত্ব লাভ করাই যথার্থ ধর্মানুভূতি। সাধকের জীবনে যতদিন এর উন্মেষ না হয়, ততদিন ‘ধর্ম’ কেবল ‘কথার কথা’, এবং ধর্মরাজ্যের প্রথম সোপানেও তার পদস্থিতি হয়নি, জানতে হবে।
সমস্ত দেশ-কাল-পাত্র জুড়ে বেদের শাসন, অর্থাৎ বেদের প্রভাব দেশবিশেষে, কালবিশেষে বা পাত্রবিশেষে বদ্ধ নয়।
সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র ‘বেদ’।
অলৌকিক জ্ঞানবেতৃত্ব কিছু পরিমাণে আমাদের দেশের ইতিহাস-পুরাণাদি গ্রন্থে ও ম্লেচ্ছাদি দেশের ধর্মগ্রন্থসমূহে যদিও বর্তমান, তবু অলৌকিক জ্ঞানরাশির সর্বপ্রথম, সম্পূর্ণ এবং অবিকৃত সংগ্রহ বলে আর্য জাতির মধ্যে প্রসিদ্ধ ‘বেদ’ নামের চতুর্বিভক্ত অক্ষররাশি সর্বতোভাবে সর্বোচ্চ স্থানের অধিকারী, সমগ্র জগতের পূজার্হ এবং আর্য বা ম্লেচ্ছ সমস্ত ধর্মগ্রন্থের প্রমাণভূমি।
আর্য জাতির আবিষ্কৃত এই বেদ নামের শব্দরাশি সম্বন্ধে এ কথাও বুঝতে হবে যে, তার মধ্যে যা লৌকিক, অর্থবাদ বা ঐতিহ্য নয়, তা-ই ‘বেদ’।
এই বেদরাশি জ্ঞানকাণ্ড ও কর্মকাণ্ড দুই ভাগে বিভক্ত। কর্মকাণ্ডের ক্রিয়া ও ফলসমূহ মায়াধিকৃত জগতের মধ্যে সর্বকাল অবস্থিত বলে দেশ, কাল, পাত্রাদির নিয়মের অধীনে সেগুলির পরিবর্তন হয়েছে, হচ্ছে ও হবে। সামাজিক রীতিনীতিও এই কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত বলে কালে কালে পরিবর্তিত হচ্ছে ও হবে। লোকাচারগুলিও সৎশাস্ত্র এবং সদাচারের অবিরোধী হয়েই কালে কালে গৃহীত হয়েছে ও হবে। সৎশাস্ত্রবিগর্হিত ও সদাচারবিরোধী একমাত্র লোকাচারের বশবর্তী হওয়াই আর্যজাতির অধঃপতনের এক প্রধান কারণ।
জ্ঞানকাণ্ড অথবা বেদান্তভাগই—নিষ্কামকর্ম, যোগ, ভক্তি ও জ্ঞানের সহায়তায়—মুক্তিপ্রদ এবং মায়াপারনেতৃত্ব-পদে সর্বকাল প্রতিষ্ঠিত রয়েছে; এবং দেশ, কাল, পাত্রাদির দ্বারা সর্বথা অপ্রতিহত থাকে বলে তা-ই সার্বলৌকিক, সার্বভৌমিক ও সার্বকালিক ধর্মের একমাত্র উপদেষ্টা।
মন্বাদি তন্ত্র কর্মকাণ্ডকে আশ্রয় করে দেশ-কাল-পাত্রভেদে সামাজিক কল্যাণকর কর্মের শিক্ষাই প্রধানত দিয়েছেন। পুরাণাদি তন্ত্র বেদান্তনিহিত তত্ত্বগুলি নিয়ে অবতারাদির মহান চরিত বর্ণনার মধ্য দিয়ে সেই সব তত্ত্বের বিস্তৃত ব্যাখ্যানই করছেন; এবং অনন্ত ভাবময় প্রভু ভগবানের কোনো কোনো ভাবকে প্রধান করে সেই সেই ভাবের উপদেশ দিয়েছেন।
কিন্তু কালবশে সদাচারভ্রষ্ট, বৈরাগ্যবিহীন, একমাত্র লোকাচারনিষ্ঠ ও ক্ষীণবুদ্ধি আর্যসন্তান—এই সব ভাববিশেষের বিশেষ শিক্ষা দেওয়ার জন্য আপাতপ্রতিযোগীর মতো অবস্থিত, ও অল্পবুদ্ধি মানবের জন্য স্থূল ও বহুবিস্তৃত ভাষায় স্থূলভাবে বৈদান্তিক সূক্ষ্মতত্ত্বের প্রচারকারী—পুরাণাদি তন্ত্রেরও মর্ম গ্রহণ করতে অসমর্থ হয়ে, অনন্তভাবসমষ্টি অখণ্ড সনাতন ধর্মকে বহু খণ্ডে বিভক্ত এবং সাম্প্রদায়িক ঈর্ষা ও ক্রোধ প্রজ্বলিত করে তার মধ্যে পরস্পরকে আহুতি দেওয়ার জন্য সতত চেষ্টা করতে করতে যখন এই ধর্মভূমি ভারতবর্ষকে প্রায় নরকভূমিতে পরিণত করেছেন, তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কী, এবং সতত-বিবদমান, আপাতদৃষ্টিতে বহুধা-বিভক্ত, সর্বথা-বিপরীত-আচারসংকুল সম্প্রদায়ে সমাচ্ছন্ন, স্বদেশির ভ্রান্তিস্থান ও বিদেশির ঘৃণাস্পদ হিন্দুধর্ম নামের যুগযুগান্তরব্যাপী দ্বিখণ্ডিত ও দেশকালযোগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ডসমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায়, তা দেখাতে এবং কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক ও সার্বদেশিক স্বরূপ নিজের জীবনে নিহিত করে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ হয়ে লোকহিতায় সর্বসমক্ষে নিজ জীবন প্রদর্শন করার জন্য শ্রীভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন।
অনাদি বর্তমান, সৃষ্টি-স্থিতি-লয়কর্তার সহযোগী শাস্ত্র কীভাবে সংক্ষিপ্ত-সংস্কার ঋষিহৃদয়ে স্বতঃ আবির্ভূত হন, তা দেখাবার জন্য, এবং এভাবে শাস্ত্র প্রমাণিত হলে ধর্মের পুনরুদ্ধার, পুনঃস্থাপন ও পুনঃপ্রচার হবে, এইজন্য বেদমূর্তি ভগবান এই কলেবরে বহিঃশিক্ষা প্রায় সম্পূর্ণ উপেক্ষা করেছেন।
বেদ—অর্থাৎ প্রকৃত ধর্মের, এবং ব্রাহ্মণত্ব—অর্থাৎ ধর্মশিক্ষকত্বের রক্ষার জন্য ভগবান যে বারংবার শরীরধারণ করেন, তা স্মৃতি প্রভৃতিতে প্রসিদ্ধ।
প্রপতিত নদীর জলরাশি যেমন সমধিক বেগবান হয়, পুনরুত্থিত তরঙ্গ যেমন সমধিক বিস্ফারিত হয়, তেমনই প্রত্যেক পতনের পর আর্যসমাজও যে শ্রীভগবানের কারুণিক নিয়ন্তৃত্বে বিগতাময় হয়ে আগের চেয়ে আরও যশস্বী ও বীর্যবান হচ্ছে, তা ইতিহাসপ্রসিদ্ধ।
প্রত্যেক পতনের পর আমাদের পুনরুত্থিত সমাজ অন্তর্নিহিত সনাতন পূর্ণত্বকে সমধিক প্রকাশ করছে এবং সর্বভূতান্তর্যামী প্রভুও প্রত্যেক অবতারে আত্মস্বরূপ সমধিক অভিব্যক্ত করছেন।
বারংবার এই ভারতভূমি মূর্ছাপন্ন হয়েছিলেন এবং বারংবার ভারতের ভগবান আত্মাভিব্যক্তির দ্বারা এঁকে পুনরুজ্জীবিত করেছেন।
কিন্তু যার প্রহর আর সামান্যই বাকি, সেই গতপ্রায়া বর্তমান গভীর বিষাদরজনীর মতো কোনো অমানিশা এর আগে এই পুণ্যভূমিকে সমাচ্ছন্ন করেনি। এ পতনের গভীরতার কাছে প্রাচীন সমস্ত পতন গোষ্পদের তুল্য।
সেইজন্য এই প্রবোধনের সমুজ্জ্বলতায় আর্য-সমাজের পূর্ব পূর্ব যুগের বোধনসমূহ সূর্যালোকে তারকাবলির মতো মহিমাবিহীন হবে, এবং তার এই পুনরুত্থানের মহাবীর্যের সমক্ষে পূর্ব পূর্ব যুগে পুনঃপুনঃ লব্ধ প্রাচীন বীর্য বাললীলাপ্রায় হয়ে যাবে।
সনাতন ধর্মের সমগ্র-ভাবসমষ্টি, বর্তমান পতনাবস্থায়, অধিকারীর অভাবে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায়ের আকারে কোথাও আংশিকভাবে পরিরক্ষিত এবং কোথাও বা সম্পূর্ণ লুপ্ত হয়েছিল।
এই নবোত্থানে নববলে বলীয়ান মানবসন্তান যে সেই বিখণ্ডিত ও বিক্ষিপ্ত অধ্যাত্মবিদ্যাকে সমষ্টিকৃত করে নিজের জীবনে ধারণা ও অভ্যাস করতে এবং লুপ্ত বিদ্যারও পুনরাবিষ্কার করতে সমর্থ হবে, তারই নিদর্শনস্বরূপ পরম কারুণিক শ্রীভগবান বর্তমান যুগে সব যুগের চেয়ে সমধিক সম্পূর্ণ, সর্বভাবসমন্বিত, সর্ববিদ্যাসহায়, পূর্বোক্ত যুগাবতাররূপ প্রকাশ করলেন।
অতএব এই মহাযুগের প্রত্যূষে সর্বভাবের সমন্বয় প্রচারিত হচ্ছে, এবং এই অসীম অনন্ত ভাব, যা সনাতন শাস্ত্র ও ধর্মে নিহিত থেকেও এতদিন প্রচ্ছন্ন ছিল, তা পুনরাবিষ্কৃত হয়ে উচ্চ নিনাদে জনসমাজে ঘোষিত হচ্ছে।
এই নব-যুগধর্ম সমগ্র জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান; এবং এই নব-যুগধর্মপ্রবর্তক শ্রীভগবান রামকৃষ্ণ পূর্বগ শ্রীযুগধর্ম-প্রবর্তকদের পুনঃসংস্কৃত প্রকাশ! —হে মানব, এ কথা বিশ্বাস করো, ধারণা করো!
হে মানব, মৃতব্যক্তি পুনরাগত হয় না—গতরাত্রি পুনর্বার আসে না—বিগতোচ্ছ্বাস পূর্বরূপ আর প্রদর্শন করে না—জীবও দুইবার এক দেহ ধারণ করে না। অতএব অতীতের পূজা থেকে আমরা তোমাদের প্রত্যক্ষের পূজায় আহ্বান করছি—গতানুশোচনা থেকে বর্তমান প্রযত্নে আহ্বান করছি—লুপ্ত পন্থার পুনরুদ্ধারে বৃথা শক্তিক্ষয় থেকে, সদ্যোনির্মিত বিশাল ও সন্নিকট পথে আহ্বান করছি; বুদ্ধিমান, বুঝে নাও!
যে শক্তির উন্মেষমাত্রেই দিগ্দিগন্তব্যাপিনী প্রতিধ্বনি জাগরিত হয়েছে, তার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো; এবং বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাসজাতিসুলভ ঈর্ষা-দ্বেষ ত্যাগ করে এই মহাযুগচক্র-পরিবর্তনের সহায়তা করো!
আমরা প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলার সহায়ক—এই বিশ্বাস হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করে কার্যক্ষেত্রে অবতীর্ণ হও!
বিবেকানন্দ
[1] প্রেমের প্রবাহ যাঁর আচণ্ডালে অবারিত।
লোকহিতে রত সদা হয়ে যিনি লোকাতীত॥
জানকীর প্রাণবন্ধ উপমা নাহিক যাঁর।
ভক্ত্যাবৃত জ্ঞানবপু যিনি রাম অবতার॥
স্তব্ধ করি কুরুক্ষেত্রে প্রলয়ের হুহুঙ্কার।
দূর করি সহজাত মহামোহ-অন্ধকার॥
উঠেছিল সুগম্ভীর গীতাসিংহনাদ যাঁর।
সেই এবে রামকৃষ্ণ খ্যাতনামা ত্রিসংসার॥
যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজসাস্তামসাশ্চ যে।
মত্ত এবেতি তান্ বিদ্ধি ন ত্বহং তেষু তে ময়ি॥
ত্রিভির্গুণময়ৈর্ভাবৈরেভিঃ সর্বমিদং জগৎ।
মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমব্যয়ম্॥
– গীতা, ৭/১২—১৩
ঠাকুরের কথার গভীর ভাব
বারো বছরের অদৃষ্টপূর্ব অলৌকিক তপস্যার শেষে শ্রীশ্রীজগদম্বা ঠাকুরকে বলেন—“ওরে, তুই ভাবমুখে থাক”; ঠাকুরও তা-ই করেন—এ কথা এখন অনেকেই জেনেছেন। কিন্তু ভাবমুখে থাকা যে কী ব্যাপার এবং তার অর্থ যে কত গভীর, তা বোঝা ও বোঝানো বড় কঠিন। আটাশ বছর আগে স্বামী বিবেকানন্দ একদিন একজন বন্ধুকে[1] বলেছিলেন, “ঠাকুরের এক একটি কথা অবলম্বন করে ঝুড়ি-ঝুড়ি দর্শন-গ্রন্থ লেখা যেতে পারে।” বন্ধুটি তা শুনে অবাক হয়ে বললেন—“বটে? আমরা তো ঠাকুরের কথার অত গভীর ভাব বুঝতে পারি না। তাঁর কোন একটি কথা ঐ ভাবে আমাকে বুঝিয়ে বলবে?”
স্বামীজী— বোঝবার মাথা থাকলে তবে তো বুঝবি। আচ্ছা, ঠাকুরের যে-কোন একটি কথা ধর, আমি বুঝুচ্চি।
বন্ধু— বেশ; সর্বভূতে নারায়ণ দেখা সম্বন্ধে উপদেশ দিয়ে ঠাকুর ‘হাতি-নারায়ণ ও মাহুত-নারায়ণে’র যে গল্পটি বলেন সেইটি বুঝিয়ে বল।
স্বামীজীও তৎক্ষণাৎ প্রাচ্য ও পাশ্চাত্য উভয় দিকের পণ্ডিতদের ভিতরেই আবহমানকাল ধরে স্বাধীন-ইচ্ছা ও অদৃষ্টবাদ অথবা পুরুষকার ও ভগবদিচ্ছা নিয়ে যে বাদানুবাদ চলে আসছে অথচ কোনো একটা স্থির মীমাংসা হচ্ছে না, সেই সব কথা উত্থাপন করলেন এবং ঠাকুরের সেই গল্পটি যে এই বিবাদের এক অপূর্ব সমাধান, তা সরল ভাষায় তিন দিন ধরে বন্ধুটিকে বুঝিয়ে বললেন।
সকল অবতারপুরুষের কথাই এমন
তলিয়ে দেখলে বাস্তবিকই ঠাকুরের অতি সামান্য-সামান্য দৈনিক ব্যবহার ও উপদেশের ভিতর এমন গভীর অর্থ দেখে আশ্চর্য হতে হয়। অবতারপুরুষদের প্রত্যেকের সম্বন্ধেই কথাটি সত্য। তাঁদের জীবনালোচনায় এটি স্পষ্ট দেখা যায়। আচার্য শঙ্কর প্রভৃতি যে দু-একজন মহাপুরুষকে বিপক্ষদলের কুতর্কজাল ছিন্ন-ভিন্ন করে ধর্মসংস্থাপন করতে হয়েছিল, তাঁদের কথা ছেড়ে দিলে, অপর সকল মহাপুরুষের জীবনেই দেখা যায়, তাঁরা সাদা কথায়, মর্মস্পর্শী ছোট ছোট গল্প, উপমা বা রূপকের সাহায্যে যা বলার বলে ও বুঝিয়ে গেছেন। লম্বা-চওড়া কথা, দীর্ঘ দীর্ঘ সমাস প্রভৃতির ধার দিয়েও যাননি। কিন্তু সেই সাদা কথার, সেই ছোট উপমার ভিতর এত ভাব ও সাধারণ মানুষকে উচ্চ আদর্শে পৌঁছে দেওয়ার এত শক্তি রয়েছে যে, আমরা হাজার হাজার বছর ধরে চেষ্টা করেও তাঁদের ভাবের অন্ত বা শক্তির সীমা এখনও পেলাম না। যতই দেখি ততই উচ্চ উচ্চতর ভাব দেখতে পাই, যতই নাড়াচাড়া তোলাপাড়া করি ততই মন ‘অনিত্য অশুভ’ সংসারের রাজত্ব ছেড়ে ঊর্ধ্বে ঊর্ধ্বতর দেশে উঠতে থাকে, এবং ‘পরমপদপ্রাপ্তি’, ‘ব্রাহ্মীস্থিতি’, ‘মোক্ষ’ বা ‘ভগবদ্দর্শনে’র দিকে—কারণ এক বস্তুকেই নানাভাবে দেখে মহাপুরুষেরা এইসব নানা নামে উল্লেখ করেছেন—যতই কেউ অগ্রসর হতে থাকে, ততই সেই সব সাদা কথার গভীর ভাব প্রাণে প্রাণে বুঝতে থাকে।
দৃষ্টান্ত—গিরিশকে বকল্মা দিতে বলা
এটাই নিয়ম। ঠাকুরের কথা ও ব্যবহার সম্বন্ধেও এই নিয়মের ব্যতিক্রম দেখি না। তাঁর যে কথাগুলি আগে একভাবে বুঝতাম, এখন সেগুলিরই আরও কতই না গভীর ভাব দেখতে পাই! দৃষ্টান্তস্বরূপ এখানে একটি কথা বললেই চলবে। শ্রীযুত গিরিশ ঠাকুরের কাছে কয়েকবার আসা-যাওয়ার পর একদিন তাঁর কাছে সর্বতোভাবে আত্মসমর্পণ করে বললেন—“এখন থেকে আমি কী করব?”
ঠাকুর— “যা করচ তাই করে যাও। এখন এদিক (ভগবান) ওদিক (সংসার) দুদিক রেখে চল, তারপর যখন একদিক ভাঙবে তখন যা হয় হবে। তবে সকালে-বিকালে তাঁর স্মরণ-মননটা রেখো।” —এই বলে গিরিশের দিকে তাকালেন, যেন তাঁর উত্তরের প্রতীক্ষা করছেন।
গিরিশের মনের অবস্থা
গিরিশ শুনে বিষণ্ণমনে ভাবতে লাগলেন, ‘আমার যে কাজ, তাতে স্নান-আহার-নিদ্রা প্রভৃতি নিত্যকর্মেরই একটা নিয়মিত সময় রাখতে পারি না। সকালে-বিকালে স্মরণ-মনন করতে নিশ্চয়ই ভুলে যাব। তা হলে তো মুশকিল—শ্রীগুরুর আজ্ঞালঙ্ঘনে মহা দোষ ও অনিষ্ট হবে। অতএব এ কথা কী করে স্বীকার করি? সংসারে অন্য কারও কাছে কথা দিয়েই সে কথা রাখতে না পারলে দোষ হয়, তা যাঁকে পরকালের নেতা বলে গ্রহণ করছি তাঁর কাছে—!’ গিরিশ মনের কথাগুলি বলতেও কুণ্ঠিত হতে লাগলেন। আবার ভাবলেন, ‘কিন্তু ঠাকুর আমাকে তো আর কোনো একটা বিশেষ কঠিন কাজ করতে বলেননি। অন্য কাউকে এ কথা বললে সে এখনই আনন্দের সঙ্গে স্বীকার করত।’ কিন্তু তিনি কী করবেন—নিজের একান্ত বহির্মুখ অবস্থা ঠিক ঠিক দেখতে পাচ্ছিলেন বলেই বুঝতে পারছিলেন যে, ধর্মকর্মের অতটুকু প্রতিদিন করা যেন তাঁর সামর্থ্যের অতীত। আবার নিজের স্বভাবের দিকে তাকিয়ে দেখতে পেলেন—কোনো ব্রত বা নিয়মে, ‘চিরকালের জন্য আবদ্ধ হলাম’—এ কথা মনে করতে গেলেও যেন হাঁপিয়ে ওঠেন এবং যতক্ষণ না সেই নিয়ম ভঙ্গ হয় ততক্ষণ যেন প্রাণে অশান্তি। আজীবন এরকমই ঘটে এসেছে। নিজের ইচ্ছায় ভালোমন্দ যা হয় করতে কোনো গোল নেই, কিন্তু যেই মনে হল—বাধ্য হয়ে অমুক কাজটা আমাকে করতে হচ্ছে বা হবে অমনি মন বেঁকে দাঁড়াল। কাজেই নিজের নিতান্ত অপারগ ও অসহায় অবস্থা উপলব্ধি করতে করতে কাতর হয়ে চুপ করে রইলেন—‘করব’ বা ‘করতে পারব না’ কোনো কথাই বলতে পারলেন না। আর অত সোজা কাজটা করতে পারবেন না, এ কথা লজ্জার মাথা খেয়ে বলেনই বা কী করে—বললেও, ঠাকুর ও উপস্থিত সকলে মনে করবেনই বা কী? তাঁর একান্ত অসহায় অবস্থার কথা হয়তো বুঝতেই পারবেন না, আর মুখ ফুটে না বললেও নিশ্চয় মনে করবেন—তিনি একটা ঢং করে কথাগুলি বলছেন।
ঠাকুর, গিরিশকে এভাবে নীরব দেখে, তাঁর দিকে তাকালেন এবং তাঁর মনোগত ভাব বুঝে বললেন, “আচ্ছা, তা যদি না পার তো খাবার শোবার আগে তাঁর একবার স্মরণ করে নিও।”
গিরিশ নীরব। ভাবলেন সেটাই কি করতে পারবেন। দেখলেন—কোনো দিন খান বেলা দশটায়, আর কোনো দিন বিকেল পাঁচটায়; রাতের খাওয়ারও সেই নিয়ম। আবার মামলা-মোকদ্দমার ফ্যাসাদে পড়ে এমন দিন গেছে যে, খেতে বসেছেন সে হুঁশই নেই! কেবলই উদ্বিগ্নচিত্তে ভাবছেন—‘ব্যারিস্টারকে যে ফি পাঠিয়েছি তা ঠিক সময়ে তাঁর হাতে পৌঁছল কি না খবরটা পেলাম না, মোকদ্দমার সময় যদি তিনি উপস্থিত না হন তা হলেই তো বিপদ’ ইত্যাদি। কাজের গতিকে তেমন দিন যদি আবার আসে—আর আসাও কিছু অসম্ভব নয়—তা হলে সেদিন ভগবানের স্মরণ-মনন করতে তো নিশ্চয় ভুলবেন! হায় হায়, ঠাকুর এত সোজা কাজ করতে বলছেন, আর তিনি ‘করব’ বলতে পারছেন না! গিরিশ বিষম ফাঁপরে পড়ে স্থির, নীরব রইলেন, আর তাঁর প্রাণের ভিতরে যেন একটা চিন্তা, ভয় ও নৈরাশ্যের ঝড় বইতে লাগল। ঠাকুর গিরিশের দিকে আবার তাকিয়ে হাসতে হাসতে এইবার বললেন—“তুই বলবি, ‘তাও যদি না পারি’—আচ্ছা, তবে আমায় বকল্মা[2] দে।” ঠাকুরের তখন অর্ধবাহ্যদশা!
বকল্মা দেওয়ার পর গিরিশের মনের অবস্থা
কথাটি মনের মতো হল। গিরিশের প্রাণ ঠান্ডা হল। শুধু ঠান্ডা হল না, ঠাকুরের অপার দয়ার কথা ভেবে তাঁর উপর ভালোবাসা ও বিশ্বাস একেবারে অনন্তধারে উছলে উঠল। গিরিশ ভাবলেন, ‘যাক—যে নিয়মবন্ধনগুলিকে বাঘ মনে হয়, তার ভিতর আর পড়তে হল না। এখন যা-ই করি না কেন, এটি মনে দৃঢ়ভাবে বিশ্বাস করলেই হল যে, ঠাকুর তাঁর অসীম দিব্যশক্তিবলে কোনো-না-কোনো উপায়ে তাঁকে উদ্ধার করবেন।’ শ্রীযুত গিরিশ তখন বকল্মা বা ঠাকুরের উপর সমস্ত ভার দেওয়ার এইটুকু অর্থই বুঝলেন—বুঝলেন, তাঁকে নিজে চেষ্টা বা সাধন-ভজন করে কোনো বিষয় ছাড়তে হবে না; ঠাকুরই তাঁর মন থেকে সব বিষয় নিজশক্তিবলে ছাড়িয়ে নেবেন।
বকল্মা ভালোবাসার বন্ধন
কিন্তু নিয়মের বন্ধন গলায় পরা অসহ্য বোধ করে তার বদলে যে তার শতগুণ বেশি ভালোবাসার বন্ধন স্বেচ্ছায় গলায় তুলে নিলেন, তা তখন বুঝতে পারলেন না। ভালো মন্দ যে অবস্থাতেই পড়ুন না কেন, যশ অপযশ যা-ই আসুক না কেন, দুঃখ-কষ্ট যতই উপস্থিত হোক না কেন, নিঃশব্দে তা সহ্য করা ছাড়া তার বিরুদ্ধে তাঁর যে আর বলার বা করার কিছুই রইল না, সে কথা তখন আর তলিয়ে দেখলেন না; দেখার শক্তিও হল না। অন্য সব চিন্তা মন থেকে সরে গেল, কেবল দেখতে লাগলেন—শ্রীরামকৃষ্ণের অপার করুণা! আর বেড়ে উঠল—শ্রীরামকৃষ্ণকে ধরে শতগুণে অহংকার। মনে হল—‘সংসারে যে যা বলে বলুক, যতই ঘৃণা করুক, ইনি তো সকল সময়ে সকল অবস্থায় আমার—তবে আর কী? কাহাকে ডরাই?’ ভক্তিশাস্ত্র[3] অহংকারকে যে সাধনের মধ্যে গণ্য করেন এবং মানবের বহু ভাগ্যে আসে বলেন, তা-ই বা তখন কেমন করে জানবেন? যা-ই হোক, শ্রীযুত গিরিশ এখন নিশ্চিন্ত; খেতে-শুতে-বসতে ওই এক চিন্তা—‘শ্রীরামকৃষ্ণ আমার সম্পূর্ণ ভার নিয়েছেন’—সর্বদা মনে জেগে থেকে তাঁকে যে ঠাকুরের ধ্যান করিয়ে নিচ্ছে এবং তাঁর সব কর্ম ও মনোভাবের উপর একটা ছাপ দিয়ে আধিপত্য বিস্তার করে আমূল পরিবর্তন এনে দিচ্ছে, তা বুঝতে না পারলেও গিরিশ সুখী—কারণ তিনি (শ্রীরামকৃষ্ণদেব) যে তাঁকে ভালোবাসেন এবং আপনার চেয়েও আপন!
গিরিশের অতঃপর শিক্ষা
ঠাকুর চিরকাল শিক্ষা দিতেন, ‘কখনো কারও ভাব নষ্ট করতে নেই’, এবং প্রত্যেক ভক্তের সঙ্গে নিত্য সেইরকম ব্যবহারও করতেন। শ্রীযুত গিরিশকে সেই ভাব দিয়ে ধরে তখন থেকে সে ভাবের উপযোগী শিক্ষাগুলিও তাঁকে দিতে লাগলেন। একদিন শ্রীযুত গিরিশ ঠাকুরের সামনে কোনো একটি সামান্য বিষয়ে ‘আমি করব’ বলায় ঠাকুর বলে উঠলেন, “ও কী গো? অমন করে ‘আমি করব’ বল কেন? যদি না করতে পার? বলবে—ঈশ্বরের ইচ্ছা হয় তো করব।” গিরিশও বুঝলেন, ‘ঠিক কথা, আমি যখন ভগবানের উপর সব বিষয়ে সম্পূর্ণ ভার দিয়েছি এবং তিনিও সেই ভার নিয়েছেন, তখন তিনি যদি সেই কাজ আমার পক্ষে করা উচিত বা মঙ্গলকর বলে করতে দেন, তবেই তো করতে পারব?’ বুঝে তখন থেকে ‘আমি করব’, ‘যাব’ ইত্যাদি বলা ও ভাবাগুলো ত্যাগ করতে লাগলেন।
গিরিশের বকল্মার গূঢ় অর্থবোধ
এভাবে দিনের পর দিন যেতে লাগল। ক্রমে ঠাকুরের অদর্শন হল; স্ত্রী-পুত্রাদির বিয়োগরূপ নানা দুঃখ-কষ্ট এসে পড়ল; তাঁর মন কিন্তু আগের মতো প্রতি ব্যাপারে বলে উঠতে লাগল—‘তিনি (শ্রীরামকৃষ্ণদেব) এমন হওয়া তোর পক্ষে মঙ্গলকর বলেই এসব হতে দিয়েছেন। তুই তাঁর উপর ভার দিয়েছিস, তিনিও নিয়েছেন; কিন্তু কোন পথ দিয়ে তিনি তোকে নিয়ে যাবেন, তা তো আর তোকে লেখাপড়া করে বলেননি? তিনি এই পথই তোর পক্ষে সহজ বুঝে নিয়ে যাচ্ছেন, এতে তোর ‘না’ বলার বা বিরক্ত হওয়ার তো কথা নেই। তবে কি তাঁর উপর বকল্মা বা ভার দেওয়াটা একটা মুখের কথামাত্র বলেছিলি?’ ইত্যাদি। এমনি করে যত দিন যেতে লাগল ততই গিরিশের বকল্মা দেওয়ার গূঢ় অর্থ হৃদয়ঙ্গম হতে লাগল। এখনও কি তার সম্পূর্ণ অর্থ বোঝা গেছে? শ্রীযুত গিরিশকে জিজ্ঞাসা করলে বলেন, “এখনও ঢের বাকি আছে! বকল্মা দেওয়ার ভিতর যে এতটা আছে তখন কি তা বুঝেছি! এখন দেখি যে সাধন-ভজন-জপ-তপরূপ কাজের একটা সময়ে অন্ত আছে, কিন্তু যে বকল্মা দিয়েছে তার কাজের আর অন্ত নাই—তাকে প্রতি পদে, প্রতি নিঃশ্বাসে দেখতে হয় তাঁর (ভগবানের) উপর ভার রেখে তাঁর জোরে পা-টি, নিঃশ্বাসটি ফেললে, না এই হতচ্ছাড়া ‘আমি’-টার জোরে সেটি করলে!”
অবতারেরাই বকল্মার ভার নিতে পারেন
বকল্মার প্রসঙ্গে নানা কথা মনে আসছে। জগতের ইতিহাসে দেখতে পাই, ভগবান যীশু, চৈতন্য প্রভৃতি মহাপুরুষেরাই কখনো কখনো কাউকে এমন অভয় দিয়েছেন। সাধারণ গুরুর তা করার সামর্থ্য বা অধিকার নেই। সাধারণ গুরু বা সাধুরা মন্ত্র-তন্ত্র বা বিশেষ বিশেষ ক্রিয়া, যার সাহায্যে তাঁরা নিজে আধ্যাত্মিক উন্নতি লাভ করেছেন, তা-ই বড় জোর অন্যকে বলে দিতে পারেন। অথবা পবিত্রভাবে নিজের জীবন যাপন করে লোককে পবিত্রতার দিকে আকৃষ্ট করতে পারেন। কিন্তু নানা বন্ধনে জড়ীভূত হয়ে মানুষ যখন একেবারে অসহায় অবস্থায় এসে পড়ে, যখন ‘এরকম কর’ বললে সে হতাশ হয়ে বলে ওঠে, ‘করব কী করে? করার শক্তি দাও তো করি’, তখন তাকে সাহায্য করা সাধারণ গুরুর সাধ্যাতীত। ‘তোমার দুষ্কৃতির সব ভার নিলাম, আমিই তোমার হয়ে সেগুলির ফলভোগ করব’—এ কথা মানবকে বলা ও সেইমতো করা মানবের সাধ্যাতীত। মানবহৃদয়ে ধর্মের এমন গ্লানি দেখা দিলেই কৃপায় শ্রীভগবান অবতীর্ণ হন এবং তার হয়ে ফলভোগ করে তাকে সেই বন্ধনের আবর্ত থেকে উদ্ধার করেন। কিন্তু এভাবে করলেও তিনি তাকে একেবারে রেহাই দেন না। শিক্ষার জন্য তাকে দিয়ে কিছু-না-কিছু করিয়ে নেন। ঠাকুর যেমন বলতেন—“তাঁদের (অবতারপুরুষদের) কৃপায় মানবের দশ জন্মের ভোগটা এক জন্মে হয়ে যায়।” ব্যক্তির সম্বন্ধে যেমন, জাতির সম্বন্ধেও তা তেমনই সত্য।
তার দৃষ্টান্ত
একেই গীতায় বলা হয়েছে—বিশ্বরূপদর্শনের জন্য অর্জুনের দিব্যচক্ষুলাভ, পুরাণে—শ্রীভগবানের কৃপালাভ, বৈষ্ণবশাস্ত্রে—জগাই-মাধাইয়ের উদ্ধার বা পাষণ্ডদলন, এবং খ্রিস্টান ধর্মে—ঈশার অপরের ভোগটা নিজের ঘাড়ে নিয়ে ভগবানের কোপশমন করা (Atonement)। শ্রীরামকৃষ্ণজীবনে যদি এর আভাস না পেতাম, তা হলে কথাটিতে যে সত্য আছে তা কখনোই বুঝতে পারতাম না।
বকল্মা সম্বন্ধে ঠাকুরের দর্শন
কলিকাতার শ্যামপুকুরে চিকিৎসার জন্য এসে ঠাকুর যখন ছিলেন, তখন একদিন দেখেছিলেন—তাঁর নিজের সূক্ষ্মশরীরটা স্থূলশরীর থেকে বাইরে এসে বেড়িয়ে বেড়াচ্ছে! ঠাকুর বলেছিলেন, “দেখলুম তার পিঠময় ঘা হয়েছে! ভাবচি কেন এমন হলো? আর মা দেখিয়ে দিচ্ছে—যা তা করে এসে যত লোকে ছোঁয়, আর তাদের দুর্দশা দেখে মনে দয়া হয়—সেইগুলো (দুষ্কর্মের ফল) নিতে হয়! সেইসব নিয়ে নিয়ে ঐরূপ হয়েছে। সেইজন্যই তো (নিজের গলা দেখিয়ে) এই হয়েছে। নইলে এ শরীর কখনও কিছু অন্যায় করেনি—এত (রোগ) ভোগ কেন?” আমরা শুনে অবাক! ভাবতে লাগলাম—বাস্তবিকই তবে একজন অপরের কৃতকর্মের ফলভোগ করে তাকে ধর্মপথে অগ্রসর করে দিতে পারে? অনেকে তখন ঠাকুরের এই কথা শুনে তাঁর প্রতি ভালোবাসায় ভেবেছিলেন—‘হায় হায়, কেন আমরা মিথ্যা-প্রবঞ্চনাদি নানা দুষ্কর্ম করে এসে ঠাকুরকে ছুঁয়েছি! আমাদের জন্য তাঁর এত ভোগ, এত কষ্ট! আর কখনো ঠাকুরের দেবশরীর স্পর্শ করব না।’
ঠাকুরের ধবলকুষ্ঠ আরোগ্য করা
এ সম্বন্ধে ঠাকুরের আর একটি কথা এখানে মনে পড়ছে। কোনো এক সময়ে একজন কুষ্ঠরোগাক্রান্ত (ধবল বা শ্বেতকুষ্ঠ) লোক এসে ঠাকুরকে কাতর হয়ে ধরল ও বলল যে, তিনি একবার হাত বুলিয়ে দিলেই তার ওই রোগ থেকে নিষ্কৃতি হয়। ঠাকুর তার প্রতি কৃপাপরবশ হয়ে বললেন, “আমি তো কিছু জানি না, বাবু; তবে তুমি বলছ, আচ্ছা, হাত বুলিয়ে দিচ্ছি। মার ইচ্ছা হয় তো সেরে যাবে।” —এই বলে হাত বুলিয়ে দিলেন। সেদিন সারা দিন ধরে ঠাকুরের হাতে এমন যন্ত্রণা হল যে, তিনি অস্থির হয়ে জগদম্বাকে বললেন, “মা আর কখনো এমন কাজ করব না।” ঠাকুর বলতেন, “তার রোগ সেরে গেল—কিন্তু তার ভোগটা (নিজের দেহ দেখিয়ে) এইটের উপর দিয়ে হয়ে গেল।” ঠাকুরের জীবনের এইসব ঘটনা থেকেই মনে হয়, বেদ বাইবেল পুরাণ কোরান তন্ত্র-মন্ত্র প্রভৃতি আধ্যাত্মিক শাস্ত্রগুলি শ্রীরামকৃষ্ণের জীবনালোকের সাহায্যে দেখলে এ যুগে অতি সহজেই বোঝা যাবে। ঠাকুরও আমাদের বলেছেন—“ওরে, নবাবী আমলের টাকা বাদশাই আমলে চলে না!”
বকল্মা দেওয়া সহজ নয়
আপাতদৃষ্টিতে মনে হয়, বকল্মা দেওয়াটা বড় সোজা কথা—দিলেই হল আর কী। মানুষ প্রবৃত্তির দাস, ধর্মকর্ম করতে এসেও কেবল সুবিধাই খোঁজে—কী করে এদিক-ওদিক, সংসারসুখ ও ভগবদানন্দ, দুটোই পেতে পারে তা-ই কেবল দেখতে থাকে। সংসারের ভোগসুখগুলোকে এত মধুর, এত অমৃতোপম বলে বোধ করে যে, সেগুলোকে ছাড়তে হবে মনে হলেও দশদিক শূন্য দেখে, মনে করে তা হলে কী নিয়ে থাকব। সেজন্য আধ্যাত্মিক জগতে বকল্মা দেওয়া চলে শুনেই সে লাফিয়ে ওঠে। মনে করে, তবে আর কী? —আমি চুরি জুয়াচুরি বাটপারি যা ইচ্ছা তা করে যতটা পারি সংসারে সুখভোগ করি আর শ্রীচৈতন্য, যীশু বা শ্রীরামকৃষ্ণ, আমি পরকালটায়—কারণ মরতে তো একদিন হবেই—যাতে সুখী হতে পারি, তা দেখুন। সে তখন বোঝে না যে, এ আর কিছুই নয়, কেবল পাজি মনের জুয়াচুরি—বোঝে না যে এভাবে সে নিরন্তর নিজেকে নিজে ঠকাচ্ছে। বোঝে না যে এ আর কিছুই নয়, কেবল নিজের দুষ্কৃতগুলির ভীষণ মূর্তি দেখতে হবে বলে সাধ করে চোখে ঠুলি পরে সর্বনাশের দিকে এগিয়ে যাওয়া—বোঝে না যে সেই ঠুলি একদিন জোর করে একজন খুলে দেবে এবং সে অকূল পাথার দেখবে—দেখবে জুয়াচোরের বকল্মা কেউ নেয়নি! হায় মানব! কত রকমেই না তুমি নিজেকে নিজে ঠকাচ্ছ এবং মনে করছ যে, ‘বড় জিতেছি!’ আর ধন্য মহামায়া! তুমি কী ভেলকিই না মানবমনে লাগিয়েছ! শ্রীরামপ্রসাদ স্বরচিত গীতে তোমায় সম্বোধন করে যা বলেছেন, তা বাস্তবিকই সম্পূর্ণ সত্য –
সাবাস মা দক্ষিণাকালী, ভুবন ভেলকি লাগিয়ে দিলি
তোর ভেলকির গুটি চরণ দুটি ভবের ভাগ্যে ফেলে দিলি।
এমন বাজিকরের মেয়ে, রাখলি বাবারে পাগল সাজায়ে
নিজে গুণময়ী হয়ে পুরুষ প্রকৃতি হলি।
মনেতে তাই সন্দ করি, যে চরণ পায়নি ত্রিপুরারি,
প্রসাদ রে সেই চরণ পাবি? —তুইও বুঝি পাগল হলি!
কোন অবস্থায় বকল্মা দেওয়া চলে
বকল্মা অমনি দিলেই দেওয়া যায় না। নানা উদ্যম অধ্যবসায়ের ফলে মনে বকল্মা দেওয়ার অবস্থা এলে, তখনই মানব তা ঠিক ঠিক দিতে পারে; আর তখনই শ্রীভগবান তার ভার নেন। সুখী হওয়ার আশায় সংসারের নানা কাজে ছুটোছুটি দৌড়োদৌড়ি করে মানব যখন বাস্তবিকই দেখে—“প্রাণহীন ধরেছি ছায়ায়”, সাধন-ভজন-জপ-তপ করে মানব যখন প্রাণে প্রাণে বোঝে, অনন্ত ভগবানকে পাওয়ার তা কখনোই উপযুক্ত মূল্য হতে পারে না, অদম্য উদ্যমে পাহাড় কেটে পথ করে নেব ভেবে সব বিষয়ে লেগে পড়ে মানব যখন বুঝতে পারে তার কোনো ক্ষমতাই নেই, তখন সে ‘কে কোথায় আছ গো, রক্ষা কর’ বলে কাতর কণ্ঠে ডাকতে থাকে, আর তখনই শ্রীভগবান তার বকল্মা নেন।
মনের জুয়াচুরি থেকে সাবধান
নইলে সাধন-ভজন করতে বা শ্রীভগবানকে ডাকতে আমার ভালো লাগে না, যথেচ্ছাচার করতে ভালো লাগে, অতএব তা-ই করব, আর কেউ এ নিয়ে প্রতিবাদ করলে বলব—‘কেন? আমি তো ভগবানকে বকল্মা দিয়েছি? তিনি আমায় এরকম করাচ্ছেন তা কী করব? মনটি কেন তিনি ফিরিয়ে দেন না?’ —এ বকল্মা কেবল পরকে ফাঁকি দেওয়ার এবং নিজেও ফাঁকিতে পড়ার বকল্মা; এতে ‘ইতোনষ্টস্ততোভ্রষ্টঃ’ হতে হয়।
বকল্মার শেষ কথা
আর একদিক দিয়ে কথাটির আলোচনা করলে আরও পরিষ্কার বোঝা যাবে। আচ্ছা বুঝলাম—তুমি বকল্মা দিয়েছ, তোমার শ্রীভগবানকে ডাকার বা সাধন-ভজন করার কোনো আবশ্যকতা নেই। কিন্তু ঠিক ঠিক বকল্মা দিলে তোমার প্রাণে প্রাণে সর্বক্ষণ তাঁর করুণার কথা উদয় হতে থাকবেই থাকবে—মনে হবে যে, এই অপার সংসারসমুদ্রে পড়ে এতদিন হাবুডুবু খাচ্ছিলাম, আহা, তিনি আমায় কৃপা করে উদ্ধার করেছেন! বলো দেখি, এমন অনুভবে তাঁর উপর তোমার কতটা ভক্তি-ভালোবাসার উদয় হবে! তোমার হৃদয় তাঁর উপর কৃতজ্ঞতা ভালোবাসায় পূর্ণ হয়ে সর্বদাই যে তাঁর কথা ভাবতে ও তাঁর নাম নিতে থাকবে—তা করতে তোমাকে কি আর বলে দিতে হবে? সাপের মতো ক্রূর প্রাণীও আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞ হয়ে বাস্তুসাপ হয় ও বাড়ির কাউকে দংশন করে না। তোমার হৃদয় কি তার চেয়েও নীচ যে, যিনি তোমার ইহকাল পরকালের ভার নিলেন, তবুও তাঁর প্রতি কৃতজ্ঞতা ভালোবাসায় পূর্ণ হল না? অতএব বকল্মা দিয়ে যদি দেখ—তোমার ভগবানকে ডাকতে ভালো লাগে না, তা হলে বুঝো তোমার বকল্মা দেওয়া হয়নি এবং তিনিও তোমার ভার গ্রহণ করেননি। ‘বকল্মা দিয়েছি’ বলে আর নিজেকে ঠকিয়ো না এবং অপাপবিদ্ধ, নিষ্কলঙ্ক ভগবানে নিজকৃত দুষ্কৃতির কালিমা অর্পণ কোরো না। এতে নিজেরই সমূহ ক্ষতি ও অমঙ্গল। ঠাকুরের ‘ব্রাহ্মণের গোহত্যা’ গল্পটি মনে রেখো:
ঠাকুরের ‘ব্রাহ্মণ ও গোহত্যা’র গল্প
এক ব্রাহ্মণ অনেক যত্ন ও পরিশ্রমে একখানি সুন্দর বাগান করেছিল। নানাজাতীয় ফল-ফুলের গাছ পুঁতেছিল, আর সেগুলি দিন দিন নধর হয়ে বেড়ে উঠছে দেখে ব্রাহ্মণের আনন্দের আর সীমা ছিল না। এখন একদিন দরজা খোলা পেয়ে একটা গরু ঢুকে সেই গাছগুলি মুড়িয়ে খেতে লাগল। ব্রাহ্মণ অন্য কাজে গিয়েছিল। এসে দেখল, তখনও গরুটা গাছ খাচ্ছে। বিষম রাগে তাড়া করে সেটাকে যেই এক ঘা লাঠি মেরেছে, আর অমনি মর্মস্থানে আঘাত লেগে গরুটা মরে গেল! ব্রাহ্মণের তখন প্রাণে ভয়—তাই তো, হিন্দু হয়ে গোহত্যা করলাম? গোহত্যার তুল্য যে পাপ নেই! ব্রাহ্মণ একটু-আধটু বেদান্ত পড়েছিল। দেখেছিল, তাতে লেখা আছে যে, বিশেষ বিশেষ দেবতার শক্তিতে শক্তিমান হয়ে মানুষের ইন্দ্রিয়গুলি নিজ নিজ কাজ করে। যেমন—সূর্যের শক্তিতে চোখ দেখে, পবনের শক্তিতে কান শোনে, ইন্দ্রের শক্তিতে হাত কাজ করে, ইত্যাদি। ব্রাহ্মণের সেই কথাগুলি তখন মনে পড়ল, আর সে ভাবল—‘তবে তো আমি গোহত্যা করিনি। ইন্দ্রের শক্তিতে হাত চালিত হয়েছে—তবে তো ইন্দ্রই গোহত্যা করেছে!’ কথাটি মনে মনে পাকা করে ব্রাহ্মণ নিশ্চিন্ত হল।
এদিকে গোহত্যা-পাপ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করতে এল, কিন্তু ব্রাহ্মণের মন তাকে তাড়িয়ে দিল। বলল, “যাও, এখানে তোমার জায়গা নেই; গোহত্যা ইন্দ্র করেছে, তার কাছে যাও।” কাজেই পাপ ইন্দ্রকে ধরতে গেল। ইন্দ্র পাপকে বললেন, “একটু অপেক্ষা করো, আমি ব্রাহ্মণের সঙ্গে দুটো কথা বলে আসি, তারপর আমায় ধোরো।” এ কথা বলে ইন্দ্র মানবরূপ ধারণ করে ব্রাহ্মণের বাগানের ভিতর ঢুকলেন, আর দেখলেন, ব্রাহ্মণ অদূরে দাঁড়িয়ে গাছপালার তদারক করছে। ইন্দ্র বাগানের শোভা দেখে, ব্রাহ্মণের যাতে কানে যায় এমনভাবে প্রশংসা করতে করতে ধীর পায়ে ব্রাহ্মণের দিকে এগোতে লাগলেন। বললেন—“আহা, কী সুন্দর বাগান, কী রুচির সঙ্গে গাছপালাগুলি লাগানো হয়েছে, যেখানে যেটি দরকার ঠিক সেখানে সেটি পোঁতা রয়েছে!” এরকম বলতে বলতে ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন—“মহাশয়, বলতে পারেন বাগানখানি কার? এমন সুন্দরভাবে গাছপালাগুলি কে লাগিয়েছে?” ব্রাহ্মণ বাগানের প্রশংসা শুনে আহ্লাদে গদগদ হয়ে বলল—“আজ্ঞে, এটি আমার; আমিই এগুলি সব পুঁতেছি। আসুন না, ভালো করে বেড়িয়ে দেখুন না।” এই বলে বাগান সম্বন্ধে নানা কথা বলতে বলতে ইন্দ্রকে বাগানের সব কিছু দেখিয়ে বেড়াতে লাগল, এবং ক্রমে মরা গরুটা যেখানে পড়ে ছিল, ভুলে সেখানেই এসে উপস্থিত হল। তখন ইন্দ্র যেন একেবারে চমকে উঠে জিজ্ঞাসা করলেন—“রাম, রাম, এখানে গোহত্যা করল কে?” ব্রাহ্মণ এতক্ষণ বাগানের সব কিছুই ‘আমি করেছি, আমি করেছি’ বলে এসেছে; কাজেই গোহত্যা কে করল, এই প্রশ্নে বিষম ফাঁপরে পড়ে একেবারে নির্বাক—চুপ! তখন ইন্দ্র নিজরূপ পরিগ্রহ করে ব্রাহ্মণকে বললেন, “তবে রে ভণ্ড, বাগানের যা কিছু ভালো সব তুমি করেছ, আর গোহত্যাটাই কেবল আমি করেছি, বটে? নে তোর গোহত্যা-কৃত পাপ।” এই বলে ইন্দ্র অন্তর্হিত হলেন, এবং পাপও এসে ব্রাহ্মণের শরীর অধিকার করল।
সাধকের মনের উন্নতির সঙ্গে ঠাকুরের কথার গভীর অর্থবোধ
যাক এখন বকল্মার কথা, আমরা আগের প্রসঙ্গে ফিরে যাই। ঠাকুরের প্রত্যেক ভক্তকে জিজ্ঞাসা করলেই তাঁরা মুক্তকণ্ঠে স্বীকার করবেন, ঠাকুরের কথাগুলির যে অর্থ তাঁরা আগে ধরতে পারতেন, এখন যত দিন যাচ্ছে ততই সেগুলির ভিতর তার চেয়ে আরও কত গভীর অর্থ তাঁর কৃপায় বুঝতে পারছেন। আবার ঠাকুরের অনেক কথা বা ব্যবহার, যার অর্থ আমরা তখন কিছুই বুঝতে পারিনি, শুধু হাঁ করে শুনেই গেছি, সেগুলির ভিতর এখন অপূর্ব অর্থ ও ভাব উপলব্ধি করে অবাক হয়ে থাকতে হয়!
‘কালে হবে’
ঠাকুরের কথাই ছিল—“ওরে, কালে হবে, কালে বুঝবি। বিচিটা পুঁতলেই কি অমনি ফল পাওয়া যায়? আগে অঙ্কুর হবে, তারপর চারাগাছ হবে, তারপর সেই গাছ বড় হয়ে তাতে ফুল ধরবে, তারপর ফল—সেই রকম। তবে লেগে থাকতে হবে, ছাড়লে হবে না; এই গানটায় কী বলছে শোন।” এই বলে ঠাকুর মধুর কণ্ঠে গান ধরতেন –
হরিষে লাগি রহো রে ভাই।
তেরা বনত বনত বনি যাই—তেরা বিগড় বাত বনি যাই॥
অঙ্কা তারে বঙ্কা তারে তারে সুজন কসাই
(আওর্) শুগা পড়ায়কে গণিকা তারে, তারে মীরাবাঈ।
দৌলত দুনিয়া মাল খাজানা, বেনিয়া বয়েল চালাই
(আওর্) এক বাতকো টাণ্টা পড়ে তো খোঁজ খবর না পাই।
এয়্সী ভক্তি কর ঘট ভিতর, ছোড় কপট চতুরাঈ
সেবা বন্দি আওর্ অধীনতা সহজ মিলি রঘুরাঈ॥
সাধনে লেগে থাকা আবশ্যক
– গান গেয়ে আবার বলতেন, “তাঁর সেবা, বন্দনা ও অধীনতা—কি না দীনভাব, এই নিয়ে বিশ্বাস করে পড়ে থাকতে থাকতে সব হবে, তাঁর দর্শন পাওয়া যাবেই যাবে। তা না করে ছেড়ে দিলে কিন্তু ঐ পর্যন্তই হলো। একজন চাকরি করে কষ্টে-সৃষ্টে কিছু কিছু করে টাকা জমাত। একদিন গুণে দেখে যে হাজার টাকা জমেছে। অমনি আহ্লাদে আটখানা হয়ে মনে করলে, তবে আর কেন চাকরি করা? হাজার টাকা তো জমেছে, আর কী? এই বলে চাকরি ছেড়ে দিলে। এতটুকু আধার, এতটুকু আশা! ঐ পেয়েই সে ফুলে উঠল, ধরাকে সরাখানা দেখতে লাগল। তারপর—হাজার টাকা খরচ হতে আর কদিন লাগে? অল্প দিনেই ফুরিয়ে গেল। তখন দুঃখে-কষ্টে আবার চাকরির জন্য ফ্যা-ফ্যা করে বেড়াতে লাগল। ও রকম করলে চলবে না, তাঁর (ভগবানের) দ্বারে পড়ে থাকতে হবে; তবে তো হবে।”
ম্যাদাটে ভক্তি ত্যাগ করা
আবার কখনো কখনো গানটির দ্বিতীয় চরণ—‘তেরা বনত বনত বনি যাই’ অর্থাৎ ভক্তি করতে করতে ফল পাওয়া যাবে—গাইতে গাইতে বলে উঠতেন—“দূর শালা! ‘বনত বনত’ কী? অমন ম্যাদাটে ভক্তি করতে নাই। মনে জোর করতে হয়—এখনি হবে, এখনি তাঁকে পাব। ম্যাদাটে ভক্তির কর্ম কি তাঁকে পাওয়া?”
ভাবঘনমূর্তি ঠাকুরের প্রত্যেক ভাবের সঙ্গে দৈহিক পরিবর্তন
ঠাকুরকে দেখলেই বাস্তবিকই মনে হত, যেন একটি জ্বলন্ত ভাবঘনমূর্তি! —যেন পুঞ্জীকৃত ধর্মভাবরাশি একত্র সম্বদ্ধ হয়ে জমাট বেঁধে রয়েছে বলেই আমরা তাঁর একটা আকার ও রূপ দেখতে পাচ্ছি! মনের ভাব-পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরটার পরিবর্তন হওয়ার কথা আমরা বলেই থাকি ও কালে-ভদ্রে কখনো একটু-আধটু প্রত্যক্ষ করি; কিন্তু মনের ভাবতরঙ্গ যে শরীরে এতটা পরিবর্তন এনে দিতে পারে, তা কখনো স্বপ্নেও ভাবিনি। নির্বিকল্প সমাধিতে ‘আমি’-জ্ঞানের একেবারে লোপ হল—আর অমনি সঙ্গে সঙ্গে ঠাকুরের হাতের নাড়ি, হৃদয়ের স্পন্দন, সব বন্ধ হয়ে গেল; শ্রীযুত মহেন্দ্রলাল সরকার প্রভৃতি ডাক্তারেরা যন্ত্রের সাহায্যে পরীক্ষা করেও হৃৎপিণ্ডের কোনো ক্রিয়াই পেলেন না।[4] তাতেও সন্তুষ্ট না হয়ে একজন ডাক্তার বন্ধু ঠাকুরের চোখের তারা বা মণি আঙুল দিয়ে স্পর্শ করলেন—তবুও মৃত ব্যক্তির মতোই সেটি কিছুমাত্র সংকুচিত হল না! ‘সখীভাব’-সাধনকালে নিজেকে শ্রীকৃষ্ণের দাসী ভাবতে ভাবতে মন তন্ময় হওয়ার সঙ্গে সঙ্গে শরীরেও ওঠা-বসা, দাঁড়ানো, কথা বলা প্রভৃতি প্রত্যেক কাজে স্ত্রী-সুলভ ভাব এমন প্রকাশ পেতে লাগল যে, শ্রীযুত মথুরানাথ মাড় প্রভৃতি যারা চব্বিশ ঘণ্টা ঠাকুরের সঙ্গে ওঠা-বসা করত, তারাও তাঁকে দেখে অনেকবার কোনো আগন্তুক স্ত্রীলোক বলে ভুল করত। এমন কত ঘটনাই না আমরা দেখেছি ও ঠাকুরের নিজের মুখে শুনেছি—যাতে বর্তমান মনোবিজ্ঞান ও শারীরবিজ্ঞানের বাঁধা-ধরা নিয়মগুলিকে পালটে বাঁধতে হয়। সেসব কথা বললেও কি লোকে বিশ্বাস করবে?
ঠাকুরের সকলের সকলপ্রকার ভাব ধরার ক্ষমতা
কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় দেখেছি ঠাকুরের ভাবরাজ্যের সর্বত্র বিচরণ করার ক্ষমতা—ছোট-বড় সবরকম ভাব বুঝতে পারা। বালক, যুবা, বৃদ্ধ সকলের মনোভাব—বিষয়ী, সাধু, জ্ঞানী, ভক্ত, স্ত্রী, পুরুষ সকলের হৃদ্গত ভাব ধরে কে কোন পথে কতদূর ধর্মরাজ্যে অগ্রসর হয়েছে, পূর্ব সংস্কারানুযায়ী সেই পথ দিয়ে অগ্রসর হতে তার এখন কেমন সাধনেরই বা প্রয়োজন, সব কথা বুঝতে পারা, ও তাদের প্রত্যেকের অবস্থানুযায়ী ঠিক ঠিক ব্যবস্থা করা। দেখে শুনে মনে হয়, ঠাকুর যেন মানবমনে যত রকম ভাব উঠেছে, উঠতে পারে বা পরে উঠবে, সেই সব ভাবই নিজের জীবনে অনুভব করে বসে আছেন, এবং নিজের মনের ভিতর সেগুলির প্রত্যেকটির আবির্ভাব থেকে তিরোভাব পর্যন্ত পর পর তাঁর যে যে অবস্থা হয়েছিল, তা-ও পুঙ্খানুপুঙ্খ স্মরণে রাখতে পেরেছেন! আর সেজন্যই সাধারণ মানুষ যে যখন এসে যে ভাবের কথা বলছে, নিজের এই সব পূর্বানুভূত ভাবের সঙ্গে মিলিয়ে তখনই তা ধরছেন, বুঝছেন ও তার উপযোগী বিধান করছেন। সব বিষয়েই যেন এমন। মায়ামোহ, সংসার-তাড়না, ত্যাগ-বৈরাগ্যের অনুষ্ঠান প্রভৃতি সব বিষয়েই কেউ কোনো অবস্থায় পড়ে তা থেকে উদ্ধার পাওয়ার পথ খুঁজে না পেয়ে কাতর-জিজ্ঞাসু হয়ে এলে ঠাকুর পথের সন্ধান তো দিয়ে দিতেনই, আবার অনেক সময়েই সঙ্গে সঙ্গে সেই অবস্থায় পড়ে নিজের যেমন অনুভূতি হয়েছিল, তা-ও বলতেন। বলতেন, “ওগো, তখন এইরকম হয়েছিল ও এইরকম করেছিলাম” ইত্যাদি। বলা বাহুল্য —এমন করায় জিজ্ঞাসুর মনে কত ভরসা জাগত, এবং ঠাকুর তার জন্য যে পথ নির্দিষ্ট করে দিতেন, কতখানি বিশ্বাস ও উৎসাহে সে সেই পথে অগ্রসর হত। শুধু তা-ই নয়, এভাবে নিজের জীবনের ঘটনা বলায় জিজ্ঞাসুর মনে হত, ঠাকুর তাকে কত ভালোবাসেন! —নিজের মনের কথাগুলি পর্যন্ত বলেন! দু-একটি দৃষ্টান্তেই বিষয়টি সম্যক বোঝা যাবে।
১ম দৃষ্টান্ত—মণিমোহনের পুত্রশোকের কথা
সিঁদুরিয়াপটির শ্রীযুত মণিমোহন মল্লিকের একটি উপযুক্ত পুত্রের মৃত্যু হল। মণিমোহন পুত্রের সৎকার করেই ঠাকুরের কাছে এসে উপস্থিত। ঠাকুরকে অভিবাদন করে বিমর্ষভাবে ঘরের একপাশে বসলেন। দেখলেন, ঘরে স্ত্রী-পুরুষ অনেক জিজ্ঞাসু ভক্ত বসে আছেন এবং ঠাকুর তাঁদের সঙ্গে নানা সৎপ্রসঙ্গ করছেন। বসার অল্পক্ষণ পরেই তাঁর উপর দৃষ্টি পড়তে ঠাকুর ঘাড় নেড়ে জিজ্ঞাসা করলেন, “কী গো? আজ এমন শুকনো দেখছি কেন?”
মণিমোহন বাষ্পগদ্গদ কণ্ঠে উত্তর দিলেন—(পুত্রের নাম করে) অমুক আজ মারা পড়েছে।
বৃদ্ধ মণিমোহনের সেই রুক্ষবেশ দেখে ও শোকনিরুদ্ধ কণ্ঠস্বর শুনে ঘরের ভিতরের সকলেই স্তম্ভিত, নীরব! সকলেই বুঝলেন, বৃদ্ধের হৃদয়ের সেই গভীর মর্মবেদনা ও উথলে-ওঠা শোকাবেগ কথায় রুদ্ধ হওয়ার নয়। তবু বৃদ্ধের বিলাপ ও কান্নায় ব্যথিত হয়ে—সংসারের ধারাই এইরকম, সকলকেই একদিন মরতে হবে, যা হয়েছে হাজার কান্নাতেও তা ফেরার নয়, অতএব শোক পরিত্যাগ করো, সহ্য করো—এমন নানা কথায় তাঁকে শান্ত করতে লাগলেন। সৃষ্টির প্রাক্কাল থেকেই মানুষ শোকসন্তপ্ত নরনারীকে এই সব কথা বলে সান্ত্বনা দিয়ে আসছে; কিন্তু হায়, কটা লোকের প্রাণ তাতে শান্ত হচ্ছে? কেনই বা হবে? মন, মুখ এবং অনুষ্ঠিত কর্ম—তিনটি পদার্থ একই ভাবে ভাবিত থাকলে তবেই আমাদের উচ্চারিত কথাগুলি অপরের প্রাণ স্পর্শ করে তাতে সমভাবের তরঙ্গ তুলতে পারে। এখানে যে তার একান্ত অভাব! আমরা মুখে সংসার অনিত্য বলে প্রতি চিন্তায় ও কাজে তার বিপরীত আচরণ করি; নিশার স্বপ্নের মতো সংসারটাকে অনিত্য বলে ভাবতে অপরকে উপদেশ দিয়ে নিজে সর্বদা প্রাণে প্রাণে তাকে নিত্য বলে ভাবি, এবং চিরকালের মতো এখানে থাকার বন্দোবস্ত করি। আমাদের কথায় সে শক্তি কোথা থেকে আসবে?
অন্য সকলে মণিমোহনকে এভাবে নানা কথা বললেও ঠাকুর এক্ষেত্রে অনেকক্ষণ কোনো কথাই না বলে মণিমোহনের শোকোচ্ছ্বাস কেবল শুনেই যেতে লাগলেন। তাঁর তখনকার সেই উদাসীন ভাব দেখে কেউ কেউ বিস্মিত হয়ে ভাবতেও লাগলেন—এঁর হৃদয় কী কঠোর, কী করুণাশূন্য!
বৃদ্ধের কথা শুনতে শুনতে কিছুক্ষণ পরে ঠাকুর অর্ধবাহ্যদশা প্রাপ্ত হলেন, এবং সহসা তাল ঠুকে দাঁড়িয়ে শ্রীযুক্ত মণিমোহনকে লক্ষ্য করে অপূর্ব তেজের সঙ্গে গান ধরলেন –
জীব সাজ সমরে।
ঐ দেখ্ রণবেশে কাল প্রবেশে তোর ঘরে।
আরোহণ করি মহাপুণ্য-রথে ভজন-সাধন দুটো অশ্ব জুড়ে তাতে
দিয়ে জ্ঞান-ধনুকে টান ভক্তি-ব্রহ্মবাণ সংযোগ কর রে।
আর এক যুক্তি আছে শুন সুসঙ্গতি,
সব শত্রু নাশের চাইনে রথরথী
রণভূমি যদি করেন দাশরথি ভাগীরথীর তীরে॥
গানের বীরত্বব্যঞ্জক সুর ও তার অনুরূপ অঙ্গভঙ্গি ঠাকুরের নয়ন থেকে নিঃসৃত বৈরাগ্য ও তেজের সঙ্গে মিশে সকলের প্রাণে তখন এক অপূর্ব আশা ও উদ্যমের স্রোত বইয়ে দিল। সকলেরই মন তখন শোক-মোহের রাজ্য থেকে উঠে এক অপূর্ব ইন্দ্রিয়াতীত, সংসারাতীত, বিমল ঈশ্বরীয় আনন্দে পূর্ণ হল। মণিমোহনও তা প্রাণে প্রাণে অনুভব করে এখন শোক-তাপ ভুলে স্থির, গম্ভীর, শান্ত!
গান সাঙ্গ হল—কিন্তু গানের কয়েকটি কথার সাহায্যে ঠাকুর যে দিব্য ভাবতরঙ্গ তুলেছিলেন, তাতে ঘর অনেকক্ষণ ধরে জমজম করতে লাগল। ঈশ্বরই একমাত্র আপন, মন-প্রাণ তাঁকে অর্পণ করলাম—তিনি কৃপা করুন, দর্শন দিন—এই ভাবে আত্মহারা হয়ে সকলে স্থির হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পরে ঠাকুরের সমাধিভঙ্গ হলে তিনি মণিমোহনের কাছে বসে বলতে লাগলেন –
“আহা! পুত্রশোকের মতো কি আর জ্বালা আছে? খোলটা (দেহ) থেকে বেরোয় কি না? খোলটার সঙ্গে সম্বন্ধ—যতদিন খোলটা থাকে ততদিন থাকে।”
এই বলে ঠাকুর নিজের ভাইপো অক্ষয়ের মৃত্যুর কথা দৃষ্টান্ত হিসেবে তাঁকে বলতে লাগলেন। এমন বিমর্ষ-গম্ভীরভাবে ঠাকুর কথাগুলি বলছিলেন যে, স্পষ্ট বোধ হচ্ছিল, তিনি যেন নিজের আত্মীয়ের মৃত্যু আবার চোখের সামনে দেখছেন! বললেন, “অক্ষয় মলো—তখন কিছু হলো না। কেমন করে মানুষ মরে, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম। দেখলুম—যেন খাপের ভেতর তলোয়ারখানা ছিল, সেটাকে খাপ থেকে বার করে নিলে; তলোয়ারের কিছু হলো না—যেমন তেমনি থাকল, খাপটা পড়ে রইল! দেখে খুব আনন্দ হলো—খুব হাসলুম, গান করলুম, নাচলুম! তার শরীরটাকে তো পুড়িয়ে-ঝুড়িয়ে এল! তার পরদিন (ঘরের পুবে, কালীবাড়ির উঠানের সামনের বারান্দার দিকে দেখিয়ে) ঐখানে দাঁড়িয়ে আছি আর দেখছি কী, যেন প্রাণের ভিতরটায় গামছা যেমন নিংড়ায় তেমনি নেংড়াচ্চে, অক্ষয়ের জন্য প্রাণটা এমনি কচ্চে! ভাবলুম, মা, এখানে (আমার) পোঁদের কাপড়ের সঙ্গেই সম্বন্ধ নেই, তা ভাইপোর সঙ্গে তো কতই ছিল! এখানেই (আমার) যখন এরকম হচ্ছে তখন গৃহীদের শোকে কী না হয়! —তাই দেখাচ্ছিস, বটে!”
কিছুক্ষণ পরে ঠাকুর আবার বলতে লাগলেন, “তবে কী জান? যারা তাঁকে (ভগবানকে) ধরে থাকে তারা এই বিষম শোকেও একেবারে তলিয়ে যায় না। একটু নাড়াচাড়া খেয়েই সামলে যায়। চুনোপুঁটির মতো আধারগুলো একেবারে অস্থির হয়ে ওঠে বা তলিয়ে যায়। দেখনি? গঙ্গায় স্টীমারগুলো গেলে জেলেডিঙিগুলো কী করে? মনে হয় যেন একেবারে গেল—আর সামলাতে পারলে না। কোনখানা বা উলটেই গেল। আর বড় বড় হাজারমুণে কিস্তিগুলো দু-চারবার টাল-মাটাল হয়েই যেমন তেমনি—স্থির হলো। দু-চারবার নাড়াচাড়া কিন্তু খেতেই হবে।”
আবার কিছুক্ষণ বিমর্ষ-গম্ভীরভাবে থেকে ঠাকুর বলতে লাগলেন, “কয়দিনের জন্যেই বা সংসারের এসকলের (পুত্রাদির) সঙ্গে সম্বন্ধ! মানুষ সুখের আশায় সংসার করতে যায়—বিয়ে করলে, ছেলে হলো, সেই ছেলে আবার বড় হলো, তার বিয়ে দিলে—দিন কতক বেশ চলল। তারপর এটার অসুখ, ওটা মলো, এটা বয়ে গেল—ভাবনায়, চিন্তায় একেবারে ব্যতিব্যস্ত; যত রস মরে তত একেবারে ‘দশ ডাক’ ছাড়তে থাকে। দেখনি? —ভিয়েনের উনুনে কাঁচা সুঁদরীর চেলাগুলো প্রথমটা বেশ জ্বলে। তারপর কাঠখানা যত পুড়ে আসে কাঠের সব রসটা পেছনের দিক দিয়ে ঠেলে বেরিয়ে গ্যাঁজলার মতো হয়ে ফুটতে থাকে আর চুঁ-চাঁ, ফুস-ফাস নানারকম আওয়াজ হতে থাকে—সেই রকম।” সংসারের অনিত্যতা ও অসারতা এবং শ্রীভগবানের শরণাপন্ন হওয়াতেই একমাত্র সুখ—ইত্যাদি বিষয়ে এভাবে নানা কথা বলে মণিমোহনকে বোঝাতে লাগলেন। মণিমোহনও সামলে নিয়ে বললেন, “এইজন্যই তো আপনার কাছে ছুটে এলুম। বুঝলুম—এ জ্বালা আর কেউ শান্ত করতে পারবে না।”
আমরা তখন ঠাকুরের এই অদৃষ্টপূর্ব ব্যবহার দেখে অবাক হয়ে ভাবতে লাগলাম—এঁকেই আমরা আগে কঠোর উদাসীন ভাবছিলাম। যিনি যথার্থ মহৎ, তাঁর ছোট ছোট কাজগুলিও সাধারণ মানুষের মতো হয় না। ছোট-বড় প্রত্যেক কাজেই তাঁর মহত্ত্বের পরিচয় পাওয়া যায়। এই কিছুক্ষণ আগেই সমাধি বা ঈশ্বরের সঙ্গে নৈকট্য-উপলব্ধিতে যাঁর হৃদয়ের স্পন্দন পর্যন্ত রহিত হয়ে গিয়েছিল, ইনি কি তিনি? সেই ঠাকুরই কি বাস্তবিক মণিমোহনের অবস্থার প্রতি সহানুভূতিতে একেবারে সাধারণ মানুষের মতো হয়েছেন? ‘মায়া হ্যায়’—ছোট কথা বলে বৃদ্ধের কথা ইনি তো উড়িয়ে দিতে পারতেন? সে ক্ষমতা যে এঁর নেই, তা তো নয়। কিন্তু এভাবে মহত্ত্ব প্রকাশ করলে বুঝতাম, ইনি বড় হন বা আর যা কিছু হন, লোকগুরু—জগদ্গুরু ঠাকুর নন। বুঝতাম, সাধারণ মানুষের ভাব বোঝার ক্ষমতা এঁর নেই, এবং বলতাম, স্ত্রী-পুত্রের প্রতি মমতায় দুর্বল আমাদের মতো মানুষের অসহায় অবস্থায় ইনি যদি একবার পড়তেন, তবে কেমন করে মায়ার খেলায় উদাসীন থাকতে পারতেন, তা দেখতাম।
২য় দৃষ্টান্ত—কাম দূর করা সম্বন্ধে ঠাকুরের কথা
পরক্ষণেই আবার হয়তো কোনো যুবক এসে বিষণ্ণচিত্তে ঠাকুরকে জিজ্ঞাসা করল, “মশায়, কাম কী করে যায়? এত চেষ্টা করি, তবুও মধ্যে মধ্যে ইন্দ্রিয়চাঞ্চল্য ও কুভাব মনে উপস্থিত হয়ে বড় অশান্তি আসে।”
ঠাকুর— “ওরে, ভগবদ্দর্শন না হলে কাম একেবারে যায় না। তা (ভগবানের দর্শন) হলেও শরীর যতদিন থাকে ততদিন একটু-আধটু থাকে, তবে মাথা তুলতে পারে না। তুই কি মনে করিস আমারই একেবারে গেছে? এক সময়ে মনে হয়েছিল যে কামটাকে জয় করেছি। তারপর পঞ্চবটীতে বসে আছি, আর এমনি কামের তোড় এল যে আর যেন সামলাতে পারিনি! তারপর ধুলোয় মুখ ঘসড়ে কাঁদি আর মাকে বলি, ‘মা, বড় অন্যায় করেছি, আর কখনো ভাবব না যে কাম জয় করেছি’—তবে যায়। কী জানিস—(তোদের) এখন যৌবনের বন্যা এসেছে! তাই বাঁধ দিতে পাচ্ছিস না। বান যখন আসে তখন কি আর বাঁধ-টাধ মানে? বাঁধ উছলে ভেঙে জল ছুটতে থাকে। লোকের ধান-ক্ষেতের ওপর এক বাঁশ সমান জল দাঁড়িয়ে যায়! তবে বলে—কলিতে মনের পাপ, পাপ নয়। আর মনে একবার আধবার কখনো কুভাব এসে পড়ে তো—‘কেন এল’ বলে বসে বসে তাই ভাবতে থাকবি কেন? ওগুলো কখনো কখনো শরীরের ধর্মে আসে যায়—শৌচ-পেচ্ছাপের চেষ্টার মতো মনে করবি। শৌচ-পেচ্ছাপের চেষ্টা হয়েছিল বলে লোকে কি মাথায় হাত দিয়ে ভাবতে বসে? সেই রকম ভাবগুলোকে অতি সামান্য, তুচ্ছ, হেয় জ্ঞান করে মনে আর আনবি না। আর তাঁর নিকটে খুব প্রার্থনা করবি, হরিনাম করবি ও তাঁর কথাই ভাববি। ও ভাবগুলো এল কি গেল—সেদিকে নজর দিবি না। এরপর ওগুলো ক্রমে ক্রমে বাঁধ মানবে।” যুবকের কাছে ঠাকুর যেন এখন যুবকই হয়ে গেছেন!
৩য় দৃষ্টান্ত—যোগানন্দকে এ সম্বন্ধে উপদেশ
এই প্রসঙ্গে শ্রীযুত যোগেনের কথা মনে পড়ছে। স্বামী যোগানন্দ, যাঁর মতো ইন্দ্রিয়জিৎ পুরুষ কমই দেখেছি, দক্ষিণেশ্বরে ঠাকুরকে একদিন সেই প্রশ্ন করেন। তাঁর বয়স তখন অল্প, বোধ হয় ১৪।১৫ হবে, এবং অল্প দিন হল ঠাকুরের কাছে যাতায়াত করছেন। সে সময় নারায়ণ নামে এক হঠযোগীও দক্ষিণেশ্বরে পঞ্চবটীতলে কুটিরে বাস করে নেতি-ধৌতি[5] ইত্যাদি ক্রিয়া দেখিয়ে কাউকে কাউকে কৌতূহলে আকৃষ্ট করছে। যোগেন স্বামীজী বলতেন, তিনিও তাদের মধ্যে একজন ছিলেন এবং সেই সব ক্রিয়া দেখে ভেবেছিলেন, সেগুলি না করলে বোধ হয় কাম যায় না এবং ভগবদ্দর্শনও হয় না। তাই বড় আশা নিয়ে প্রশ্ন করেছিলেন, ভেবেছিলেন ঠাকুর কোনো একটা আসন-টাসন বলে দেবেন, বা হরীতকী কি অন্য কিছু খেতে বলবেন, বা প্রাণায়ামের কোনো ক্রিয়া শিখিয়ে দেবেন। যোগেন স্বামীজী বলতেন—“ঠাকুর আমার প্রশ্নের উত্তরে বললেন, ‘খুব হরিনাম করবি, তা হলেই যাবে।’ কথাটা আমার একটুও মনের মতো হলো না। মনে মনে ভাবলুম—উনি কোন ক্রিয়া-ট্রিয়া জানেন না কিনা, তাই একটা যা তা বলে দিলেন। হরিনাম করলে আবার কাম যায়! তাহলে এত লোক তো কচ্চে, যাচ্ছে না কেন? তারপর একদিন কালীবাটীর বাগানে এসে ঠাকুরের কাছে আগে না গিয়ে পঞ্চবটীতে হঠযোগীর কাছে দাঁড়িয়ে তার কথাবার্তা মুগ্ধ হয়ে শুনছি, এমন সময় দেখি ঠাকুর স্বয়ং সেখানে এসে উপস্থিত। আমাকে দেখেই ডেকে আমার হাত ধরে নিজের ঘরের দিকে যেতে যেতে বলতে লাগলেন, ‘তুই ওখানে গিয়েছিলি কেন? ওখানে যাসনি। ওসব (হঠযোগের ক্রিয়া) শিখলে ও করলে শরীরের উপরেই মন পড়ে থাকবে। ভগবানের দিকে যাবে না।’ আমি কিন্তু ঠাকুরের কথাগুলি শুনে ভাবলুম—পাছে আমি ওঁর (ঠাকুরের) কাছে আর না আসি, তাই এইসব বলছেন। আমার বরাবরই আপনাকে বড় বুদ্ধিমান বলে ধারণা, কাজেই বুদ্ধির দৌড়ে ঐরূপ ভাবলুম আর কী। আমি তাঁর কাছে আসি বা না-ই আসি তাতে তাঁর (ঠাকুরের) যে কিছুই লাভ-লোকসান নাই—একথা তখন মনেও এল না। এমন পাজি সন্দিগ্ধ মন ছিল। ঠাকুরের কৃপার শেষ নাই, তাই এত সব অন্যায় ভাব মনে এনেও স্থান পেয়েছিলাম। তারপর ভাবলুম—উনি (ঠাকুর) যা বলেছেন, তা করেই দেখি না কেন—কী হয়? এই বলে একমনে খুব হরিনাম করতে লাগলুম। আর বাস্তবিকই অল্পদিনেই, ঠাকুর যেমন বলেছিলেন, প্রত্যক্ষ ফল পেতে লাগলুম।”
৪র্থ দৃষ্টান্ত—মণিমোহনের আত্মীয়ের কথা
এভাবে সকলের অবস্থা ও ভাব ধরার বিষয়ে কতই না দৃষ্টান্ত দেওয়া যায়। সিঁদুরিয়াপটির মল্লিক মহাশয়ের কথা আগেই বলেছি। তাঁর একজন ভক্তিমতী আত্মীয়ও ঠাকুরের কাছে যাওয়া-আসা করতেন। একদিন এসে তিনি বিশেষ কাতরভাবে জানালেন যে, ভগবানের ধ্যান করতে বসলে সংসারের চিন্তা, এর কথা, তার মুখ ইত্যাদি মনে পড়ে বড়ই অশান্তি আসে। ঠাকুর অমনি তাঁর ভাব ধরলেন; বুঝলেন, ইনি কাউকে ভালোবাসেন—যার কথা ও মুখ মনে পড়ে। জিজ্ঞাসা করলেন, “কার মুখ মনে পড়ে গো? সংসারে কাকে ভালবাস বল দেখি?” তিনি উত্তর দিলেন, “একটি ছোট ভাইপোকে”—যাকে তিনি মানুষ করছিলেন। ঠাকুর বললেন, “বেশ তো, তার জন্য যা কিছু করবে, তাকে খাওয়ানো-পরানো ইত্যাদি সব, গোপাল ভেবে করো। যেন গোপাল-রূপী ভগবান তার ভেতরে রয়েছেন—তুমি তাকেই খাওয়াচ্চ, পরাচ্চ, সেবা করচ—এই রকম ভাব নিয়ে কর। মানুষের করচি ভাববি কেন গো? যেমন ভাব তেমন লাভ।” শুনতে পাই, এরকম করার ফলে অল্প দিনেই তাঁর বিশেষ মানসিক উন্নতি, এমনকি ভাবসমাধি পর্যন্ত হয়েছিল।
ঠাকুরের স্ত্রী-জাতির সর্বপ্রকার মনোভাব ধরার ক্ষমতা
ঠাকুরের নিজের পুরুষশরীর ছিল, সেজন্য পুরুষের ভাব তিনি যে বুঝতেন ও ধরতেন, তা কতকটা বোঝা যায়। কিন্তু স্ত্রীজাতি—কোমলতা, সন্তানবাৎসল্য প্রভৃতি মনোভাবের জন্য ভগবান যাদের পুরুষের চেয়ে একটা অঙ্গই বেশি দিয়েছেন—তাদের সব ভাব ঠাকুর কী করে ঠিক ঠিক ধরতেন, তা ভাবলে আর আশ্চর্যের সীমা থাকে না। ঠাকুরের স্ত্রী-ভক্তেরা বলেন, “ঠাকুরকে আমাদের পুরুষ বলেই অনেক সময় মনে হত না। মনে হত—যেন আমাদেরই একজন। সেজন্য পুরুষের কাছে আমাদের যেমন সংকোচ-লজ্জা আসে, ঠাকুরের কাছে তার কিছুই আসত না। যদি বা কখনো আসত তো তৎক্ষণাৎ আবার ভুলে যেতাম ও আবার নিঃসংকোচে মনের কথা খুলে বলতাম।”
এর কারণ
‘ভগবান শ্রীকৃষ্ণের সখী বা দাসী আমি’—এই ভাবনা দীর্ঘকাল ধরে ভেবে ভেবে তন্ময় হয়ে ‘পুরুষ আমি’ এ ভাবটি ঠাকুর একেবারে ভুলে গিয়েছিলেন বলেই কি এমন হত? পতঞ্জলি তাঁর যোগসূত্রে বলেছেন, ‘তোমার মন থেকে হিংসা যদি একেবারে দূর হয়, তাহলে মানুষের তো কথাই নেই, জগতে কেউই—বাঘ সাপ প্রভৃতিও—তোমাকে আর হিংসা করবে না! তোমাকে দেখে তাদের মনে হিংসা-প্রবৃত্তিই জাগবে না।’ হিংসার মতো কাম-ক্রোধাদি অন্য সব বিষয়েও এরকমই বুঝতে হবে। পুরাণে এ বিষয়ের অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। একটি বললেই চলবে। মায়াহীন নিষ্কলঙ্ক যুবক শুক ভগবদ্ভাবে অহরহ নিমগ্ন থেকে সংসার ছেড়ে যাচ্ছেন, আর বৃদ্ধ পিতা ব্যাস পুত্রমায়ায় অন্ধ হয়ে ‘কোথা যাও, কোথা যাও’ বলতে বলতে পিছন পিছন ছুটেছেন। পথের মধ্যে সরোবর-তীরে কাপড় রেখে অপ্সরারা স্নান করছিলেন। শুককে দেখে তাঁদের মনে কিছুমাত্র সংকোচ বা লজ্জা এল না—যেমন স্নান করছিলেন তেমনই করতে লাগলেন। কিন্তু বৃদ্ধ ব্যাস সেখানে উপস্থিত হওয়ামাত্র সকলে সসম্ভ্রমে কাপড়ে শরীর ঢেকে নিলেন। ব্যাস ভাবলেন—‘এ তো বেশ! আমার যুবক পুত্র আগে গেল, তখন কেউ একটু নড়লও না, আর আমি বৃদ্ধ, আমাকে দেখে এত লজ্জা!’ কারণ জিজ্ঞাসা করলে রমণীরা বললেন, “শুক এত পবিত্র যে, ‘তিনি আত্মা’ এই চিন্তাই তাঁর সর্বক্ষণ রয়েছে! তাঁর নিজের স্ত্রীশরীর কি পুরুষশরীর, সে বিষয়ে আদৌ হুঁশই নেই! কাজেই তাঁকে দেখে লজ্জা এল না। আর তুমি বৃদ্ধ, রমণীর হাবভাব কটাক্ষের অনেক পরিচয় পেয়েছ ও রূপলাবণ্যের অনেক বর্ণনাও করেছ; শুকের মতো স্ত্রী-পুরুষে আত্মদৃষ্টি তোমার নেই এবং হবেও না; কাজেই তোমাকে দেখে আমাদের পুরুষবুদ্ধি জাগল, আর সঙ্গে সঙ্গে লজ্জা এল।”
ঠাকুরের কাছে স্ত্রীজাতির সর্বথা নিঃসংকোচ ব্যবহারের কারণ
ঠাকুরের সম্বন্ধে ঠিক এই কথাই মনে হয়। তাঁর জ্বলন্ত আত্মজ্ঞান ও স্ত্রী-পুরুষ সকলের ভিতর, সর্বভূতে আত্মদৃষ্টি, তাঁর কাছে যতক্ষণ থাকা যেত ততক্ষণ সকলের মন এত উঁচুতে তুলে রাখত যে, ‘আমি পুরুষ’, ‘উনি স্ত্রী’—এসব ভাব অনেক সময়ে মনেই উঠত না। কাজেই পুরুষের মতো স্ত্রীজাতিরও তাঁর কাছে সংকোচাদি না হওয়ারই কথা। শুধু তা-ই নয়, ঠাকুরের সংসর্গে সেই আত্মদৃষ্টি তখন তাঁদের ভিতর এত বদ্ধমূল হয়ে যেত যে, মেয়েরা যে-সব কাজকে অসীম সাহসের কাজ বলেন ও কখনো কারও আদেশে করতে পারেন না, ঠাকুরের কথায় তাঁরা সেই সব কাজ অবাধে অনায়াসে সম্পন্ন করে আসতেন। সম্ভ্রান্তবংশীয় যে স্ত্রীলোকেরা গাড়ি-পালকি ছাড়া কখনো কোথাও যাতায়াত করতেন না, ঠাকুরের আদেশে তাঁরাও কখনো কখনো তাঁর সঙ্গে দিনের বেলায় পায়ে হেঁটে সদর রাস্তা দিয়ে গঙ্গাতীর পর্যন্ত অনায়াসে এসে নৌকা করে দক্ষিণেশ্বর কালীবাড়িতে গিয়েছেন; শুধু তা-ই নয়, সেখানে গিয়ে হয়তো আবার ঠাকুরের আদেশে কাছের বাজার থেকে বাজার করে এনেছেন এবং সন্ধ্যার সময় ফের হেঁটে কলিকাতায় নিজ নিজ বাড়িতে ফিরেছেন। এ বিষয়ে দু-একটি দৃষ্টান্ত এখানে দিলেই কথাটি বেশ বোঝা যাবে।
এ সম্বন্ধে দৃষ্টান্ত
১৮৮৪ খ্রিস্টাব্দের ভাদ্র বা আশ্বিন মাস। শ্রীশ্রীমা তখন পিত্রালয় জয়রামবাটীতে গিয়েছেন। শ্রীযুক্ত বলরাম বসু তাঁর পিতার সঙ্গে বৃন্দাবন গিয়েছেন। সঙ্গে শ্রীযুত রাখাল (ব্রহ্মানন্দ স্বামীজী), শ্রীযুত গোপাল (অদ্বৈতানন্দ স্বামী) প্রভৃতি ও অন্যান্য অনেক স্ত্রী-পুরুষ গিয়েছেন। বাগবাজারের এক সম্ভ্রান্তবংশীয় স্ত্রীলোক ঠাকুরকে কখনো দেখেননি, তাঁর কথা শুনেছেন মাত্র; ঠাকুরকে দর্শন করতে আসার বিশেষ ইচ্ছা হলে তিনি পরিচিত আর একজন স্ত্রীলোককে সে কথা বললেন। পরিচিত স্ত্রী-ভক্তটি দুই বছর আগে থেকে ঠাকুরের কাছে যাওয়া-আসা করছেন, সেজন্যই তাঁকে বলা। পরামর্শ ঠিক হল; পরদিন বিকেলে নৌকা করে দুজনে দক্ষিণেশ্বরে উপস্থিত। দেখলেন—ঠাকুরের ঘরের দরজা বন্ধ। ঘরের উত্তরের দেয়ালে দুটি ফোকর আছে, তার ভিতর দিয়ে উঁকি মেরে দেখলেন—ঠাকুর বিশ্রাম করছেন। কাজেই নহবতে, যেখানে শ্রীশ্রীমা থাকতেন, গিয়ে বসে অপেক্ষা করতে লাগলেন। একটু পরেই ঠাকুর উঠলেন এবং উত্তরের দরজা খুলে নহবতের দোতলার বারান্দায় তাঁরা বসে আছেন দেখতে পেয়ে “ওগো, তোরা এখানে আয়” বলে ডাকলেন। স্ত্রী-ভক্তেরা এসে আসন নিলে ঠাকুর তক্তা থেকে নেমে পরিচিত স্ত্রী-ভক্তটির কাছে গিয়ে বসলেন। তিনি এতে সংকুচিত হয়ে সরে বসার উপক্রম করতেই ঠাকুর বললেন, “লজ্জা কিগো? লজ্জা ঘৃণা ভয়—তিন থাকতে নয়। (হাত নেড়ে) তোরাও যা, আমিও তাই। তবে (দাড়ির চুলগুলি দেখিয়ে) এইগুলি আছে বলে লজ্জা হচ্ছে, না?”
এই বলে ভগবৎপ্রসঙ্গ পেড়ে নানা কথায় উপদেশ দিতে লাগলেন। স্ত্রী-ভক্তেরাও স্ত্রী-পুরুষ-ভেদ ভুলে গিয়ে নিঃসংকোচে প্রশ্ন করতে ও শুনতে লাগলেন। অনেকক্ষণ কথাবার্তার পর বিদায়ের সময় ঠাকুর বললেন, “সপ্তাহে একবার করে আসবে। নূতন নূতন এখানে আসা-যাওয়াটা বেশি রাখতে হয়।” আবার, তাঁরা সম্ভ্রান্তবংশীয় হলেও গরিব দেখে, নৌকা বা গাড়ির ভাড়া রোজ রোজ কোথায় পাবেন ভেবে ঠাকুর বলতে লাগলেন, “আসবার সময় তিন-চার জনে মিলে নৌকায় করে আসবে। আর যাবার সময় এখান থেকে হেঁটে বরানগরে গিয়ে ‘শেয়ারে’ গাড়ি করবে।” বলা বাহুল্য, স্ত্রী-ভক্তেরা তখন থেকে তা-ই করতে লাগলেন।
এ সম্বন্ধে ২য় দৃষ্টান্ত
আর একজন আমাদের একদিন বলেছিলেন—“ভোলা ময়রার দোকানে বেশ সর করেছিল। ঠাকুর সর খেতে ভালবাসতেন জানতুম, তাই বড় একখানি সর কিনে আমরা পাঁচজনে মিলে নৌকা করে দক্ষিণেশ্বরে উপস্থিত। ওমা, এসে শুনলুম ঠাকুর কলিকাতায় গিয়েছেন। সকলে তো একেবারে বসে পড়লুম। কী হবে? রামলালদাদা ছিলেন—তাঁকে ঠাকুর কোথায় গিয়েছেন জিজ্ঞাসা করায়, বলে দিলেন, ‘কম্বুলেটোলায় মাস্টার মহাশয়ের[6] বাড়িতে’। অ-র মা শুনে বললে, ‘সে বাড়ি আমি জানি, আমার বাপের বাড়ির কাছে—যাবি? চল যাই; এখানে বসে আর কী করব?’ সকলেই তাই মত করলে। রামলালদাদার হাতে সরখানি দিয়ে বলে গেলুম, ‘ঠাকুর এলে দিও’। নৌকা তো ছেড়ে দিয়েছিলুম—হেঁটে হেঁটেই সকলে চললুম। কিন্তু এমনি ঠাকুরের ইচ্ছে, আলমবাজারটুকু গিয়েই একখানা ফেরতা গাড়ি পাওয়া গেল। ভাড়া করে তো শ্যামপুকুরে সব এলুম। এসে আবার বিপদ। অ-র মা বাড়ি চিনতে পারলে না। শেষে ঘুরে ঘুরে তার বাপের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে একটা চাকরকে ডেকে আনলে। সে সঙ্গে এসে দেখিয়ে দেয়, তবে হয়। অ-র মারই বা দোষ দেব কি, আমাদের চেয়ে ৩।৪ বছরের ছোট তো? তখন ছাব্বিশ-সাতাশ বছরের হবে। বউ মানুষ, রাস্তাঘাটে কখনো বেরোয়নি, আর গলির ভেতরে বাড়ি—সে চিনবেই বা কেমন করে গা?
“যা হোক করে তো পৌঁছুলুম। তখন মাস্টারদের (পরিবারের) সঙ্গেও চেনাশুনা হয়নি। বাড়ি ঢুকে দেখি একখানি ছোট ঘরে তক্তাপোশের ওপর ঠাকুর বসে, কাছে কেউ নাই। আমাদের দেখেই হেসে বলে উঠলেন, ‘তোরা এখানে কেমন করে এলি গো?’ আমরা তাঁকে প্রণাম করে সব কথা বললুম। তিনি খুব খুশি, ঘরের ভেতর বসতে বললেন, আর অনেক কথাবার্তা কইতে লাগলেন। এখন সকলে বলে, মেয়েদের তিনি ছুঁতে দিতেন না! কাছে যেতে দিতেন না। আমরা শুনে হাসি ও মনে করি—তবু আমরা এখনো মরিনি! তাঁর যে কী দয়া ছিল, তা কে জানবে! স্ত্রী-পুরুষে সমান ভাব! তবে স্ত্রীলোকের হাওয়া অনেকক্ষণ সহ্য করতে পারতেন না, অনেকক্ষণ থাকলে বলতেন, ‘যা গো, এইবার একবার মন্দিরে দর্শন করে আয়’। পুরুষদেরও ঐরূপ বলতে আমরা শুনেছি।
“যাক। আমরা তো বসে কথা কইছি। আমাদের ভেতর যে দুজনের বেশি বয়েস ছিল তারা দরজার সামনেই বসেছে, আর আমরা তিনজনে ঘরের ভেতর, এককোণে; এমন সময়ে ঠাকুর যাকে ‘মোটা বামুন’ বলতেন (শ্রীযুত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়) তিনি এসে উপস্থিত। বেরিয়ে যাব—তারও জো নেই! কোথায় যাই! বুড়িরা দরজার সামনেই একটা জানালা ছিল, তাতেই বসে রইল। আর আমরা তিনটেয় ঠাকুর যে তক্তাপোশে বসেছিলেন তার নিচে ঢুকে উপুড় হয়ে শুয়ে পড়ে রইলুম। মশার কামড়ে সর্বাঙ্গ ফুলে উঠল, কী করি, নড়বার জো নেই, স্থির হয়ে পড়ে রইলুম। কথাবার্তা কয়ে বামুন প্রায় এক ঘণ্টা বাদে চলে গেল, তখন বেরুই! —আর হাসি!
“তারপর বাড়ির ভেতর জলখাবারের জন্য ঠাকুরকে নিয়ে গেল। তখন তাঁর সঙ্গে বাড়ির ভেতর গেলুম। তারপর খেয়েদেয়ে কতক্ষণ বাদে ঠাকুর গাড়িতে উঠলেন (দক্ষিণেশ্বরে ফিরবেন বলে); তখন সকলে হেঁটে বাড়ি ফিরি। রাত তখন ৯টা হবে।
স্ত্রীভক্তদের প্রতি ঠাকুরের সমান কৃপা
“তার পরদিন আবার দক্ষিণেশ্বরে গেলুম। যাবামাত্র ঠাকুর কাছে এসে বললেন, ‘ওগো, তোমার সর প্রায় সবটা খেয়েছিলুম, একটু বাকি ছিল; কোন অসুখ করেনি, পেটটা একটু সামান্য গরম হয়েছে’। আমি তো শুনে অবাক! তাঁর পেটে কিছু সয় না, আর একখানা সর তিনি একেবারে খেয়েছেন! তারপর শুনলুম—ভাবাবস্থায় খেয়েছেন। শুনলুম—মাস্টার মহাশয়ের বাড়ি থেকে ঠাকুর খেয়ে-দেয়ে তো রাত্রি সাড়ে দশটায় এসে পৌঁছুলেন; এসে খানিক বাদে তাঁর ভাব হয় ও অর্ধবাহ্যদশায় রামলালদাদাকে বলেন, ‘বড় ক্ষুধা পেয়েছে, ঘরে কী আছে দে তো রে’। রামলালদাদা শুনে আমার সেই সরখানি এনে সামনে দেন ও ঠাকুর তা প্রায় সব খেয়ে ফেলেন! ভাবের ঘোরে তাঁর কখনো কখনো অমন অসম্ভব খাওয়া ও খেয়ে হজম করার কথা মা-র কাছে ও লক্ষ্মীদিদির কাছে শুনেছিলুম, সেইসব কথা মনে পড়ল। এত কৃপা আমরা তাঁর কাছ থেকে পেয়েছি! সে যে কী দয়া, তা বলে বোঝাবার নয়! আর সে কী টান, কেমন করে যে আমরা সব যেতুম, করতুম—তা আমরাই জানি না, বুঝি না। কই—এখন তো আর সে রকম করে কোথাও হেঁটে হেঁটে বলা নেই কওয়া নেই অচেনা লোকের বাড়িতে সাধু দেখতে বা ধর্মকথা শুনতে যেতে পারি নে! সে যাঁর শক্তিতে করতুম তাঁর সঙ্গে গিয়েছে! তাঁকে হারিয়ে এখন কেন যে বেঁচে আছি, তা জানি না!”
এরকম আরও কতই না দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। যাঁরা কখনো বাড়ি থেকে বেরোননি—তাঁদের দিয়ে বাজার করিয়ে এনেছেন, অভিমান-অহংকার দূর হবে বলে সাধারণ ভিখারির মতো লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করিয়েছেন, সঙ্গে নিয়ে পেনেটীর মহোৎসব ইত্যাদি দেখিয়ে এনেছেন—আর তাঁরাও মনে কোনো দ্বিধা না করে মহানন্দে ঠাকুর যা বলেছেন, তা-ই করেছেন! ভেবে দেখলে এটি কম ব্যাপার বলে মনে হয় না; সেই প্রবল জ্ঞানতরঙ্গের সামনে সকলেরই ভেদজ্ঞানপ্রসূত দ্বিধাভাব তখনকার মতো ভেসে গিয়েছে। সেই উজ্জ্বল ভাবঘনতনু ঠাকুরের ভিতর সকলেই নিজ নিজ ভাবের পূর্ণাদর্শ দেখতে পেয়ে নিজেদের কৃতার্থ জ্ঞান করেছে! পুরুষ পুরুষত্বের পূর্ণবিকাশ দেখে নতশির হয়েছে; স্ত্রী স্ত্রীজনসুলভ সকল ভাবের বিকাশ তাঁর মধ্যে দেখতে পেয়ে নিঃসংকোচে তাঁকে আপনার চেয়েও আপন জ্ঞান করেছে!
ঠাকুরের স্ত্রীসুলভ হাবভাবের অনুকরণ
স্ত্রীজাতিসুলভ হাবভাবাদি ঠাকুর কখনো কখনো আমাদের সামনে নকল করতেন। সেই নকল এত ঠিক হত যে, আমরা অবাক হতাম। একজন স্ত্রী-ভক্ত এ সম্বন্ধে একদিন আমাদের বলেছিলেন, ঠাকুর একবার তাঁদের সামনে, স্ত্রীলোকেরা পুরুষ দেখলে যেরকম হাবভাব করে, তা দেখাতে আরম্ভ করলেন—“সে মাথায় কাপড় টানা, কানের পাশে চুল সরিয়ে দেওয়া, বুকে কাপড় টানা, ঢং করে নানারূপ কথা কওয়া—একেবারে হুবহু ঠিক। দেখে আমরা হাসতে লাগলুম, কিন্তু মনে লজ্জা আর কষ্টও হলো যে, ঠাকুর মেয়েদের এই রকম করে হেয় জ্ঞান করচেন। ভাবলুম—কেন, সকল স্ত্রীলোকেরাই কি ঐ রকম? হাজার হোক আমরা মেয়ে কিনা, মেয়েদের ওরকম করে কেউ ব্যাখ্যানা করলে মনে কষ্ট হতেই পারে। ওমা, ঠাকুর অমনি আমাদের মনের ভাব বুঝতে পেরেছেন! আর বলছেন, ‘ওগো, তোদের বলচি না। তোরা তো অবিদ্যাশক্তি নোস; ওসব অবিদ্যাশক্তিগুলো করে’!”
ঠাকুরের স্ত্রী-পুরুষ উভয় ভাবের একত্র সমাবেশ
ঠাকুরের মধ্যে স্ত্রী-পুরুষ উভয় ভাবের এমন একত্র সমাবেশ তাঁর প্রত্যেক ভক্তই কিছু-না-কিছু উপলব্ধি করেছে। শ্রীযুত গিরিশ সেরকম উপলব্ধি করে একদিন ঠাকুরকে জিজ্ঞাসাই করে ফেললেন, “মশাই, আপনি পুরুষ না প্রকৃতি?” ঠাকুর হেসে উত্তরে বললেন, “জানি না”। আত্মজ্ঞ পুরুষেরা যেমন বলেন, ‘আমি পুরুষ নই, স্ত্রীও নই’—ঠাকুর এ কথাটি সেই ভাবে বললেন, অথবা নিজের ভিতর উভয় ভাবের সমান সমাবেশ দেখে বললেন, সে কথা এখন কে মীমাংসা করবে?
ভাবমুখে থাকাতেই ঠাকুর সকলের ভাব বুঝতে পারতেন
এভাবে ভাবময় ঠাকুর ভাবমুখে থেকে স্ত্রীর কাছে স্ত্রী ও পুরুষের কাছে পুরুষ হয়ে তাদের প্রত্যেকের সব ভাব ঠিক ঠিক ধরতেন। আমাদের কারও কারও কাছে এ কথা তিনি স্বয়ংই ব্যক্ত করেছেন। একজন পরম ভক্তিমতী স্ত্রীভক্ত[7] আমাদের বলেছেন, ঠাকুর তাঁকে একদিন বলছেন, “লোকের দিকে চেয়েই—কে কেমন বুঝতে পারি, কে ভাল কে মন্দ, কে সুজন্মা, কে বেজন্মা, কে জ্ঞানী, কে ভক্ত, কার হবে, কার হবে না (ধর্মলাভ)—সব জানতে পারি; কিন্তু বলি না—তাদের মনে কষ্ট হবে, তাই!” ভাবমুখে থাকায় সমগ্র জগৎটাই তাঁর কাছে সদা সর্বক্ষণ ভাবময় বলেই প্রতীত হত। বোধ হত—স্ত্রী-পুরুষ, গরু-ঘোড়া, কাঠ-মাটি সবই যেন বিরাট মনে এক-একটি ভিন্ন ভিন্ন ভাবসমষ্টিরূপে উঠছে, ভাসছে—আর সেই ভাবাবরণের ভিতর দিয়ে অনন্ত অখণ্ড সচ্চিদাকাশ কোথাও অল্প, কোথাও অধিক পরিমাণে প্রকাশ পাচ্ছে; আবার কোথাও বা আবরণের নিবিড়তায় একেবারে আচ্ছন্ন হয়ে যেন নেই বলে বোধ হচ্ছে! আনন্দময়ীর নিষ্কলঙ্ক মানসপুত্র ঠাকুর জগদম্বার পাদপদ্মে স্বেচ্ছায় শরীর-মন, চিত্তবৃত্তি, সর্বস্ব অর্পণ করে সমাধিবলে অশরীরী আনন্দস্বরূপ প্রাপ্ত হয়ে তাঁর সঙ্গে চিরকালের জন্য মিলিত হতে যাত্রা করেছিলেন, কিন্তু সেখানে পৌঁছে জগন্মাতার অন্য ইচ্ছা জানতে পারলেন এবং তাঁরই আজ্ঞা শিরোধার্য করে দ্বৈতাদ্বৈতবিবর্জিত অনির্বচনীয় অবস্থায় লীন আপন মনকে জোর করে আবার বিদ্যার আবরণে আবৃত করে নিয়ত মা-র আদেশ পালন করতে লাগলেন! অনন্তভাবময়ী জগজ্জননীও ঠাকুরের প্রতি প্রসন্ন হয়ে তাঁকে শরীরী করে রেখেও একত্বের এত উচ্চপদে তাঁর মনটি সর্বক্ষণ রেখে দিলেন যে, অনন্ত বিরাট মনে যতকিছু ভাবের উদয় হচ্ছে, সে সবই সেখান থেকে তাঁর নিজস্ব বলে সর্বকালে অনুভূত হত, এবং এতটা তাঁর আয়ত্তে থাকত যে, দেখলেই মনে হত—যিনিই মাতা তিনিই সন্তান এবং যিনিই সন্তান তিনিই মাতা—‘চিন্ময় ধাম, চিন্ময় নাম, চিন্ময় শ্যাম’!
আমরা যতটুকু বলতে পারলাম বললাম; পাঠক, এইবার তুমি ভেবে দেখো, অনন্তভাবরূপী এ ঠাকুর কে?
[1] শ্রীযুত হরমোহন মিত্র।
[2] অর্থাৎ ভার দাও। বিষয়কর্মে এক ব্যক্তি নিজের হয়ে কাজ করার ক্ষমতা বা অধিকার অপর কোনো ব্যক্তিকে দিলে সে ব্যক্তি তার হয়ে সমস্ত লেন-দেন করে, রসিদ চিঠিপত্র লেখে এবং তার নামে সেগুলিতে সই করে নিচে ‘বঃ (অর্থাৎ বকলম)’ – অমুক বলে নিজের নাম লিখে দেয়।
[3] নারদ-ভক্তিসূত্র।
[4] গলরোগের চিকিৎসার জন্য ঠাকুর যখন শ্যামপুকুরের বাসায় ছিলেন, তখন আমাদের সামনে এই পরীক্ষা হয়েছিল।
[5] দুই আঙুল চওড়া ও দশ-পনেরো হাত লম্বা একটা ন্যাকড়ার ফালি ভিজিয়ে আস্তে আস্তে গিলে ফেলা ও পরে তা আবার টেনে বের করার নাম নেতি। আর ২/৩ সের জল খেয়ে আবার বমি করে ফেলার নাম ধৌতি। গুহ্যদ্বার দিয়ে জল টেনে নিয়ে বের করাকেও ধৌতি বলে। হঠযোগীরা এভাবে শরীরের ভিতরের সমস্ত শ্লেষ্মাদি বের করে ফেলেন। তাঁরা বলেন – এতে শরীরে রোগ আসতে পারে না এবং শরীর দৃঢ় হয়।
[6] ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত – যিনি ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’ প্রকাশ করে সাধারণের কৃতজ্ঞতাভাজন হয়েছেন – তখন কলিকাতা কম্বুলিয়াটোলায় একটি ভাড়াবাড়িতে থাকতেন।
[7] স্বামী প্রেমানন্দজীর মাতাঠাকুরানী।
সর্বগুহ্যতমং ভূয়ঃ শৃণু মে পরমং বচঃ।
ইষ্টোঽসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম্॥
– গীতা, ১৮।৬৪
সমাধি মস্তিষ্ক-বিকার নয়
ঠাকুরের আবির্ভাব বা প্রকাশের আগে কলিকাতায় শিক্ষিত বা অশিক্ষিত সকলেই যে ভাব, সমাধি বা আধ্যাত্মিক রাজ্যের অপূর্ব দর্শন ও উপলব্ধিসমূহ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ছিল, এ কথা বললে অত্যুক্তি হবে না। অশিক্ষিত জনসাধারণের সে সম্বন্ধে ভয়-বিস্ময়-সম্ভূত একটা কিম্ভূতকিমাকার ধারণা ছিল; এবং নবীন শিক্ষিতসম্প্রদায় তখন ধর্মজ্ঞান-বিবর্জিত বিদেশি শিক্ষার স্রোতে সম্পূর্ণভাবে গা ঢেলে মনে করতেন, ওইরকম দর্শনাদি হওয়া অসম্ভব, বা তা মস্তিষ্কের বিকারপ্রসূত। আধ্যাত্মিক রাজ্যের ভাবসমাধি থেকে উৎপন্ন শারীরিক বিকারগুলি তাঁদের চোখে মূর্ছা ও শারীরিক রোগবিশেষ বলেই প্রতিভাত হত! বর্তমান কালে সেই অবস্থার অনেকটা পরিবর্তন হলেও ভাব এবং সমাধিরহস্য এখনও অতি অল্প লোকই যথাযথ বুঝতে পারে। আবার শ্রীরামকৃষ্ণদেবের ভাবমুখাবস্থা সামান্যও বুঝতে হলে সমাধিতত্ত্ব সম্বন্ধে একটা মোটামুটি জ্ঞান থাকা নিতান্ত প্রয়োজন। সেজন্য এই বিষয়েই আমরা এখন পাঠককে কিছু কিছু বোঝানোর চেষ্টা করব।
সাধারণ মানব যা উপলব্ধি করে না তাকেই আমরা সচরাচর ‘বিকার’ বলে থাকি। ধর্মজগতের সূক্ষ্ম উপলব্ধিগুলি কিন্তু কখনোই সাধারণ মানবমনের অনুভবের বিষয় হতে পারে না; তার জন্য শিক্ষা, দীক্ষা ও নিরন্তর অভ্যাসাদির প্রয়োজন। এই সব অসাধারণ দর্শন ও অনুভবাদি সাধককে দিন দিন পবিত্র করে ও নিত্য নতুন বলে বলীয়ান এবং নব নব ভাবে পূর্ণ করে ক্রমে চিরশান্তির অধিকারী করে। অতএব এই সব দর্শনাদিকে ‘বিকার’ বলা যুক্তিসংগত কি? ‘বিকার’ মাত্রই যে মানবকে দুর্বল করে ও তার বুদ্ধি-শুদ্ধি কমিয়ে দেয়, এ কথা সকলকেই স্বীকার করতে হবে। ধর্মজগতের দর্শনানুভূতিগুলির ফল যখন তার সম্পূর্ণ বিপরীত, তখন সেগুলির কারণও সম্পূর্ণ বিপরীত বলতে হবে এবং সেজন্য সেগুলিকে মস্তিষ্ক-বিকার বা রোগ কখনও বলা চলে না।
সমাধির দ্বারাই ধর্মলাভ হয় ও চিরশান্তি পাওয়া যায়
বিশেষ বিশেষ ধর্মানুভূতিগুলি এইরকম দর্শনাদির দ্বারাই চিরকাল অনুভূত হয়ে এসেছে। তবে যতক্ষণ না মনের সব বৃত্তি নিরুদ্ধ হয়ে মানব নির্বিকল্প অবস্থায় উপনীত ও অদ্বৈতভাবে অবস্থিত হয়, ততক্ষণ সে আধ্যাত্মিক জগতের চিরশান্তির অধিকারী হতে পারে না। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলতেন—“একটা কাঁটা ফুটেছে, আর একটা কাঁটা দিয়ে পূর্বের সেই কাঁটাটা তুলে ফেলে দুটো কাঁটাই ফেলে দিতে হয়।” শ্রীভগবানকে ভুলে যাওয়াতে এই জগৎ-রূপ বিকার দেখা দিয়েছে। এই সব নানা রূপ-রসাদির অনুভব-রূপ বিকার ধর্মজগতের পূর্বোক্ত দর্শনানুভবাদির দ্বারা প্রতিহত হয়ে মানবকে ক্রমশ সেই অদ্বৈতানুভূতিতে পৌঁছে দেয়। তখন ‘রসো বৈ সঃ’—এই ঋষিবাক্যের উপলব্ধি হয়ে মানব ধন্য হয়। এই হল প্রণালী। ধর্মজগতের যত কিছু মত, অনুভব, দর্শনাদি সব সেই লক্ষ্যেই মানবকে অগ্রসর করে। শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজী এই সব দর্শনাদিকে বলতেন, সাধক লক্ষ্যাভিমুখে কতদূর অগ্রসর হল, তারই পরিচায়ক (mile-stones on the way to progress)। অতএব পাঠক যেন মনে না করেন, ভাববিশেষের একটু প্রাবল্যে অথবা ধ্যানের সাহায্যে দু-একটি দেবমূর্তি দর্শনাদিতেই ধর্মের ‘ইতি’ হল! তা হলে বিষম ভ্রমে পড়তে হবে। সাধকেরা ধর্মজগতে এইরকম বিষম ভ্রমে পড়েই লক্ষ্য হারান এবং লক্ষ্য হারিয়েই একদেশী-ভাবাপন্ন হয়ে পরস্পরের প্রতি দ্বেষ-হিংসাদিতে পূর্ণ হয়ে পড়েন। শ্রীভগবানে ভক্তি করতে গিয়ে এই ভ্রম দেখা দিলেই মানুষ ‘গোঁড়া’, ‘একঘেয়ে’ হয়। এই দোষই ভক্তিপথের বিষম কণ্টকস্বরূপ এবং মানবের ‘হীনবুদ্ধি’-প্রসূত।
দেবমূর্তি প্রভৃতির দর্শন না হলেই যে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না, তা নয়
আবার ওইরকম দর্শনাদিতে বিশ্বাসী হয়ে অনেকে বুঝে বসেন, যার তেমন দর্শনাদি হয়নি, সে আর ধার্মিক নয়। ধর্ম, আর লক্ষ্যবিহীন অদ্ভুত-দর্শন-পিপাসা (miracle-mongering), তাঁদের কাছে একই ব্যাপার বলে প্রতিভাত হয়। কিন্তু এমন পিপাসায় ধর্মলাভ হয় না, মানব বরং দিন দিন সব বিষয়ে দুর্বলই হয়ে পড়ে। যাতে একনিষ্ঠ বুদ্ধি ও চরিত্রবল না আসে, যাতে মানব পবিত্রতার দৃঢ়ভূমিতে দাঁড়িয়ে সত্যের জন্য সমগ্র জগৎকে তুচ্ছ করতে না পারে, যাতে কামগন্ধহীন না হয়ে মানব দিন দিন নানা বাসনা-কামনায় জড়ীভূত হয়, তা ধর্মরাজ্যের বহির্ভূত। অপূর্ব দর্শনাদি যদি তোমার জীবনে তেমন ফল প্রসব না করে থাকে, অথচ দর্শনাদিও হতে থাকে, তবে জানতে হবে—তুমি এখনও ধর্মরাজ্যের বাইরে রয়েছ, তোমার এই সব দর্শনাদি মস্তিষ্ক-বিকারজনিত, তার কোনো মূল্য নেই। আর যদি দেখ, অপূর্ব দর্শনাদি না করেও তুমি তেমন বলে বলীয়ান হচ্ছ, তবে বুঝবে তুমি ঠিক পথে চলেছ, কালে যথার্থ দর্শনাদিও তোমার হবে।
ত্যাগ, বিশ্বাস এবং চরিত্রের বলই ধর্মলাভের পরিচায়ক
শ্রীরামকৃষ্ণদেবের ভক্তদের মধ্যে অনেকের ভাবসমাধি হচ্ছে, অথচ অনেক দিন যাতায়াত করেও নিজের ওরকম কিছু হল না দেখে আমাদের জনৈক বন্ধু[1] কোনো এক সময়ে বিশেষ ব্যাকুল হন এবং শ্রীরামকৃষ্ণদেবের কাছে সজলনয়নে গিয়ে প্রাণের কাতরতা নিবেদন করেন। শ্রীরামকৃষ্ণদেব তা শুনে তাঁকে বুঝিয়ে বলেন, “তুই ছোঁড়া তো ভারি বোকা, ভাবচিস বুঝি ঐটে হলেই সব হলো? ঐটেই ভারি বড়? ঠিক ঠিক ত্যাগ, বিশ্বাস ওর চেয়ে ঢের বড় জিনিস জানবি। নরেন্দ্রের (স্বামী বিবেকানন্দের) তো ওসব বড় একটা হয় না; কিন্তু দেখ দেখি—তার কী ত্যাগ, কী বিশ্বাস, কী মনের তেজ ও নিষ্ঠা!”
‘পাকা আমি’ ও শুদ্ধ বাসনা। জীবন্মুক্ত, আধিকারিক বা ঈশ্বরকোটি ও জীবকোটি
একনিষ্ঠ বুদ্ধি, দৃঢ় বিশ্বাস ও ঐকান্তিক ভক্তির সাহায্যে সাধকের বাসনাগুলি যখন ক্ষীণ হয় এবং শ্রীভগবানের সঙ্গে অদ্বৈতভাবে অবস্থানের সময় আসে, তখন পূর্বসংস্কারবশে কারও কারও মনে কখনও কখনও ‘আমি লোক-কল্যাণ সাধন করব, যাতে বহুজন সুখী হতে পারে তা করব’—এমন শুদ্ধ বাসনার উদয় হয়। সেই বাসনার বশে সে আর তখন পূর্ণরূপে অদ্বৈতভাবে অবস্থান করতে পারে না। সেই উচ্চ ভাবভূমি থেকে সামান্য নেমে ‘আমি, আমার’-রাজ্যে আবার ফিরে আসে। কিন্তু সে ‘আমি’ শ্রীভগবানের দাস, সন্তান বা অংশ ‘আমি’—এইভাবে শ্রীভগবানের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্বন্ধ নিয়েই অনুক্ষণ থাকে। সে ‘আমি’ দিয়ে আর অহর্নিশি কাম-কাঞ্চনের সেবা করা চলে না। সে ‘আমি’ শ্রীভগবানকে সারাৎসার জেনে আর সংসারের রূপ-রসাদি ভোগের জন্য লালায়িত হয় না। যতটুকু রূপ-রসাদি বিষয়-গ্রহণ তার উদ্দেশ্য বা লক্ষ্যের সহায়ক, ততটুকুই সে ইচ্ছামতো গ্রহণ করে, এই পর্যন্ত। যাঁরা আগে বদ্ধ ছিলেন, পরে সাধন করে সিদ্ধিলাভ করেছেন এবং জীবনের অবশিষ্ট কাল কোনো এক ভগবদ্ভাবে কাটাচ্ছেন, তাঁদেরই ‘জীবন্মুক্ত’ বলে। যাঁরা ঈশ্বরের সঙ্গে তেমন বিশিষ্ট সম্বন্ধের ভাব নিয়েই জন্মগ্রহণ করেছেন এবং এ জন্মে কোনো সময়েই সাধারণ মানবের মতো বন্ধনযুক্ত হয়ে পড়েননি, তাঁরাই শাস্ত্রে ‘আধিকারিক পুরুষ’, ‘ঈশ্বরকোটি’ বা ‘নিত্যমুক্ত’ প্রভৃতি শব্দে অভিহিত হয়েছেন। আবার একদল সাধক আছেন, যাঁরা অদ্বৈতভাব লাভ করার পরে এ জন্মে বা পরজন্মে সংসারে লোককল্যাণ করতেও আর ফেরেন না—এঁরাই ‘জীবকোটি’ বলে অভিহিত হন এবং এঁদের সংখ্যাই অধিক বলে আমরা গুরুমুখে শুনেছি।
অদ্বৈতভাবোপলব্ধির তারতম্য
আবার যাঁরা ওইভাবে অদ্বৈতভাব-লাভের পর লোককল্যাণের জন্য সমাধিভূমি থেকে নেমে আসেন, সেসব সাধকের মধ্যেও অখণ্ডসচ্চিদানন্দস্বরূপ জগৎকারণের সঙ্গে অদ্বৈতভাব উপলব্ধি করার তারতম্য আছে। কেউ সেই ভাবসমুদ্র দূর থেকে দর্শন করেছেন মাত্র, কেউ বা আরও কাছে এগিয়ে গিয়ে তা স্পর্শ করেছেন, আবার কেউ বা সেই সমুদ্রের জল অল্প-স্বল্প পান করেছেন। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলতেন, “দেবর্ষি নারদ দূর হতে ঐ সমুদ্র দেখেই ফিরেছেন, শুকদেব তিনবার স্পর্শমাত্র করেছেন, আর জগদ্গুরু শিব তিন গণ্ডূষ জল খেয়ে শব হয়ে পড়ে আছেন!” এই অদ্বৈতভাবে অল্পক্ষণের জন্যও তন্ময় হওয়াকেই ‘নির্বিকল্প সমাধি’ বলে।
শান্ত-দাস্যাদি-ভাবের গভীরতায় সবিকল্প সমাধি
অদ্বৈতভাব-উপলব্ধির যেমন তারতম্য আছে, তেমনই নিম্নস্তরের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য প্রভৃতি ভাব, অথবা যে ভাবগুলি অদ্বৈতভাবে সাধককে উপনীত করে, সেগুলির উপলব্ধির মধ্যেও আবার তারতম্য আছে। কেউ বা সেগুলির কোনোটি সম্পূর্ণভাবে উপলব্ধি করে কৃতার্থ হন, আবার কেউ বা তার আভাসমাত্রই পান। এই নিম্নাঙ্গের ভাবগুলির মধ্যে কোনো একটির সম্পূর্ণ উপলব্ধিই ‘সবিকল্প সমাধি’ নামে যোগশাস্ত্রে নির্দিষ্ট হয়েছে।
মানসিক ও আধ্যাত্মিক ভাবে শারীরিক বিকার অবশ্যম্ভাবী
উচ্চাঙ্গের অদ্বৈতভাব হোক বা নিম্নাঙ্গের সবিকল্পভাব, সকল প্রকার ভাবেই সাধকের অপূর্ব শারীরিক পরিবর্তন এবং অদ্ভুত দর্শনাদি দেখা দেয়। এই শরীরবিকার ও অদ্ভুত দর্শনাদির প্রকাশ আবার ভিন্ন ভিন্ন রূপে লক্ষ করা যায়। কারও অল্প উপলব্ধিতেই শারীরিক বিকার ও দর্শনাদি দেখা যায়, আবার কারও বা সেই সব ভাব অতি গভীরভাবে উপলব্ধি হলেও শারীরিক বিকার এবং দর্শনাদি অতি অল্পই দেখা যায়। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলতেন, “গেড়ে ডোবার অল্প জলে যদি দু-একটা হাতি নামে তো জল ওছল্-পাছল্ হয়ে তোলপাড় হয়ে উঠে; কিন্তু সায়ের দীঘিতে অমন বিশগণ্ডা হাতি নামলেও যেমন জল স্থির, তেমনই থাকে।” অতএব শারীরিক বিকার এবং দর্শনাদি যে ভাবের গভীরতার ধ্রুব লক্ষণ, তাও নয়।
সর্বপ্রকার ভাব সম্পূর্ণ উপলব্ধি করতে অবতারেরাই সক্ষম। দৃষ্টান্ত—ঠাকুরের সমাধির কথা
ভাবসমাধির দার্শনিক তত্ত্ব শ্রীগুরুর মুখ থেকে আমরা যেমন শুনেছি, তা-ই সংক্ষেপে এখানে বিবৃত করতে চেষ্টা করছি। আরও কয়েকটি কথা সে সম্বন্ধে এখানে বলা প্রয়োজন। তবেই পাঠক তা বিশদভাবে বুঝতে পারবেন। সাধকদের মধ্যে শান্তদাস্যাদি ও অদ্বৈত-ভাবোপলব্ধির যে তারতম্য দেখা যায়, সে সম্বন্ধে যেসব কথা আগে বলা হল, তাতে যেন কেউ মনে না করেন যে, ঈশ্বরাবতারেরাও ভাবরাজ্যে কোনোরকম গণ্ডির ভিতর আবদ্ধ থাকেন। তাঁরা শান্তদাস্যাদি যখন যে ভাব ইচ্ছা, পূর্ণমাত্রায় নিজের জীবনে প্রদর্শন করতে পারেন, আবার অদ্বৈতভাব অবলম্বন করে শ্রীভগবানের সঙ্গে একত্বানুভবে এতদূর অগ্রসর হতে পারেন যে, জীবন্মুক্ত, নিত্যমুক্ত বা ঈশ্বরকোটি কোনো প্রকার জীবেরই তা সাধ্যায়ত্ত নয়। রসস্বরূপ, আনন্দস্বরূপের সঙ্গে অতদূর একত্বে অগ্রসর হয়ে আবার তা থেকে বিযুক্ত হওয়া এবং ‘আমি আমার’ রাজ্যে পুনরায় নেমে আসা—জীবের পক্ষে কখনোই সম্ভবপর নয়। তা কেবল একমাত্র অবতারপ্রথিত পুরুষদের পক্ষে সম্ভব। তাঁদের অদৃষ্টপূর্ব উপলব্ধিগুলি লিপিবদ্ধ করেই আধ্যাত্মিক জগতে বেদাদি সর্বশাস্ত্রের উৎপত্তি হয়েছে। অতএব তাঁদের আধ্যাত্মিক উপলব্ধিগুলি অনেক ক্ষেত্রে যে বেদাদি শাস্ত্রে নিবদ্ধ উপলব্ধিগুলিকে অতিক্রম করবে—এতে বিচিত্র কী আছে? শ্রীরামকৃষ্ণদেব যেমন বলতেন, “এখানকার অবস্থা (আমার উপলব্ধি) বেদ-বেদান্তে যা লেখা আছে, সেসকলকে ঢের ছাড়িয়ে চলে গেছে!” শ্রীরামকৃষ্ণদেব সেই শ্রেণির পুরুষদের অগ্রণী ছিলেন বলেই নিরন্তর ছয় মাস কাল অদ্বৈতভাবে পূর্ণরূপে অবস্থান করার পরেও আবার ‘বহুজনহিতায়’ লোকশিক্ষার জন্য ‘আমি আমার’ রাজ্যে ফিরতে সমর্থ হয়েছিলেন। সে বড় অদ্ভুত কথা। সে সম্বন্ধে কয়েকটি কথা পাঠককে এখানে বলা অসংগত হবে না।
বেদান্ত-চর্চা করতে ব্রাহ্মণীর নিষেধ
শ্রীমৎ তোতাপুরীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করার পর তৃতীয় দিনে ঠাকুরের বেদান্ত-শাস্ত্রোক্ত নির্বিকল্প সমাধি বা শ্রীভগবানের সঙ্গে অদ্বৈতভাবে অবস্থানের চরম উপলব্ধি হয়। সে সময় ঠাকুরের তন্ত্রোক্ত সবরকম সাধন হয়ে গেছে এবং যিনি সেই সব সাধনার সময় বৈধ দ্রব্যাদি সংগ্রহ করে এবং সেগুলির ব্যবহারপ্রণালী প্রভৃতি দেখিয়ে তাঁকে সহায়তা করেছিলেন, সে বিদুষী ভৈরবীও (ঠাকুর এঁকে আমাদের কাছে ‘বামনী’ বলে উল্লেখ করতেন) দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে বাস করছেন। কারণ, ঠাকুরের শ্রীমুখ থেকে আমরা শুনেছি, সেই ‘বামনী’ বা ভৈরবী তাঁকে শ্রীমৎ তোতাপুরীর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশামেশি করতে নিষেধ করে বলতেন—“বাবা, ওর সঙ্গে অত মেশামেশি করো না, ওদের সব শুকনো ভাব; ওর অত সঙ্গ করলে তোমার ভাব-প্রেম আর কিছু থাকবে না।” ঠাকুর কিন্তু সে কথায় কিছুমাত্র বিচলিত না হয়ে তখন অহর্নিশি বেদান্ত-বিচার ও উপলব্ধিতে নিমগ্ন থাকতেন।
ঠাকুরের নির্বিকল্প ভূমিতে সর্বদা থাকার সংকল্প ও সেই ভূমির স্বরূপ
এগারো মাস দক্ষিণেশ্বরে থেকে শ্রীমৎ তোতাপুরী চলে গেলেন। ঠাকুরের তখন দৃঢ়সংকল্প হল—‘আমি আমার’ রাজ্যে আর না থেকে নিরন্তর শ্রীভগবানের সঙ্গে একত্বানুভবে বা অদ্বৈতজ্ঞানে অবস্থান করব এবং তিনি সেরকম আচরণও করতে লাগলেন। সে বড় অপূর্ব কথা—শরীরটা যে আছে, সে হুঁশ ঠাকুরের তখন আদৌ ছিল না। খাব, শোব, শৌচাদি করব—এসব কথারও মনে উদয় হত না, তা অপরের সঙ্গে কথাবার্তা বলব—সে তো অনেক দূরের কথা! সে অবস্থায় ‘আমি আমার’ও নেই—আর ‘তুমি তোমার’ও নেই! ‘দুই’ নেই; ‘এক’ও নেই! কারণ, ‘দুই’-এর স্মৃতি থাকলে তবে তো ‘একে’র উপলব্ধি হবে। সেখানে মনের সব বৃত্তি স্থির—শান্ত! কেবল –
কিমপি সততবোধং কেবলানন্দরূপং
নিরুপমমতিবেলং নিত্যমুক্তং নিরীহম্।
নিরবধিগগনাভং নিষ্কলং নির্বিকল্পং
হৃদি কলয়তি বিদ্বান্ ব্রহ্মপূর্ণং সমাধৌ॥
প্রকৃতি-বিকৃতিশূন্যং ভাবনাতীতভাবং।[2]
* * * * *
কেবল আনন্দ! আনন্দ! —তার দিক নেই, দেশ নেই, আলম্বন নেই, রূপ নেই, নাম নেই। কেবল অশরীরী আত্মা আপন অনির্বচনীয় আনন্দময় অবস্থায়, মনবুদ্ধির গোচরে যতপ্রকার ভাবরাশি আছে, সেসবের অতীত একপ্রকার ভাবাতীত ভাবে অবস্থিত! যাকে শাস্ত্র ‘আত্মায় আত্মায় রমণ’ বলে নির্দেশ করেছেন! —এমন এক অনির্বচনীয় অবস্থার উপলব্ধি ঠাকুরের তখন নিরন্তর হচ্ছিল।
ঠাকুরের মনের অদ্ভুত গঠন
ঠাকুর বলতেন, বেদান্তের নির্বিকল্প সমাধি-উপলব্ধিতে ওঠার পথে সংসারের কোনো পদার্থ বা কোনো সম্বন্ধই তাঁর অন্তরায় হয়নি। কারণ, আগে থেকেই তো তিনি শ্রীশ্রীজগদম্বার শ্রীপাদপদ্মের সাক্ষাৎকার লাভের জন্য যতপ্রকার ভোগবাসনা সব ত্যাগ করেছিলেন। “মা, এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান—এই নে তোর ধর্ম, এই নে তোর অধর্ম—এই নে তোর ভাল, এই নে তোর মন্দ—এই নে তোর পাপ, এই নে তোর পুণ্য—এই নে তোর যশ, এই নে তোর অযশ—আমায় তোর শ্রীচরণে শুদ্ধা-ভক্তি দে, দেখা দে”—এই বলে মন থেকে ঠিক ঠিক সবরকম বাসনা কামনা শ্রীশ্রীজগন্মাতাকে ভালোবেসে তাঁর জন্য ত্যাগ করেছিলেন। হায়, সে একাঙ্গী ভক্তি-প্রেমের কথা কি আমরা উপলব্ধি দূরে থাক, একটুও কল্পনা করতে পারি? আমরা মুখে যদি কখনও শ্রীভগবানকে বলি, ‘ঠাকুর, এই নাও আমার যা কিছু সব’ তো বলার পরই আবার কাজের সময় ঠাকুরকে তাড়িয়ে সেসব ‘আমার আমার’ বলতে থাকি এবং লাভ-লোকসান খতাই। প্রতি কাজে ‘লোকে কী বলবে’ ভেবে নানাভাবে তোলাপাড়া, ছোটাছুটি করি; ভবিষ্যতের ভাবনা ভেবে কখনও অকূলপাথারে, আবার কখনও বা আনন্দে ভাসি; এবং মনে মনে এ কথা স্থিরনিশ্চয় করে বসে আছি যে, দুনিয়াটা আমরা আমাদের উদ্যমে একেবারে ওলটপালট করে না দিতে পারলেও কতকটা তো ঘোরাতে ফেরাতে পারি। ঠাকুরের তো আমাদের মতো জুয়াচোর মন ছিল না; তিনি যেমন বললেন, “মা, এই তোর দেওয়া জিনিস তুই নে”, অমনি সেই মুহূর্ত থেকে তাঁর মন আর সেগুলির প্রতি লালসাপূর্ণ দৃষ্টিপাত করল না! ‘বলে ফেলেছি কী করি? না বললে হতো’—মনের এমন ভাব পর্যন্ত তখন থেকে আর জাগল না! সেইজন্যই দেখতে পাই, ঠাকুর যখনই যা শ্রীশ্রীজগদম্বাকে দেবেন বলেছেন তা আর কখনও ‘আমার’ নিজের বলতে পারেননি।
ঠাকুরের সত্যনিষ্ঠা
এখানে সে বিষয়ে আর একটি কথাও আমরা পাঠককে বলতে চাই। ঠাকুর শ্রীশ্রীজগন্মাতাকে ধর্মাধর্ম, পুণ্য-পাপ, ভালো-মন্দ, যশ-অযশ প্রভৃতি শরীর-মনের সর্বস্ব অর্পণ করেও ‘মা, এই নে তোর সত্য, এই নে তোর মিথ্যা’—এ কথাটি বলতে পারেননি। তার কারণ ঠাকুর নিজের মুখেই এক সময়ে আমাদের কাছে ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, সেভাবে সত্য ত্যাগ করলে “শ্রীশ্রীজগন্মাতাকে সর্বস্ব যে অর্পণ করলাম—এ সত্য রাখব কী করে?” বাস্তবিক সর্বস্ব অর্পণ করেও কী সত্যনিষ্ঠাই না আমরা তাঁর মধ্যে দেখেছি। যেদিন যেখানে যাব বলেছেন, সেদিন ঠিক সময়ে সেখানে উপস্থিত হয়েছেন; যার কাছ থেকে যে জিনিস নেব বলেছেন, তাকে ছাড়া অপর কারও কাছ থেকে তা নিতে পারেননি। যেদিন বলেছেন, আর অমুক জিনিসটা খাব না, বা অমুক কাজ আর করব না, সেই দিন থেকে আর তা খেতে বা করতে পারেননি। ঠাকুর বলতেন, “যার সত্যনিষ্ঠা আছে, সে সত্যের ভগবানকে পায়। যার সত্যনিষ্ঠা আছে, মা তার কথা কখনো মিথ্যা হতে দেয় না।” বাস্তবিকও সে বিষয়ের কতই না দৃষ্টান্ত আমরা তাঁর জীবনে দেখেছি! তার মধ্যে কয়েকটি পাঠককে এখানে বললে মন্দ হবে না।
ওই বিষয়ের প্রথম দৃষ্টান্ত
দক্ষিণেশ্বরে একদিন পরমা ভক্তিমতী গোপালের মা ঠাকুরকে ভাত রেঁধে খাওয়াবেন। সব তৈরি; ঠাকুর খেতে বসলেন। বসে দেখেন, ভাতগুলি শক্ত রয়েছে—ভালো করে সেদ্ধ হয়নি। ঠাকুর বিরক্ত হলেন এবং বললেন, “এ ভাত কি আমি খেতে পারি? ওর হাতে আর কখনো ভাত খাব না।” ঠাকুরের মুখ দিয়ে ওই কথাগুলি বের হওয়ায় সকলে ভাবলেন, ঠাকুর গোপালের মাকে ভবিষ্যতে সতর্ক করার জন্য ওরকম বলে ভয় দেখালেন মাত্র, নইলে গোপালের মাকে যেরকম আদর-যত্ন করেন, তাতে তাঁর হাতে আর খাবেন না—এ কি হতে পারে? কিছুক্ষণ বাদেই আবার গোপালের মাকে ক্ষমা করবেন এবং সে কথার আর কোনো উচ্চবাচ্য হবে না। কিন্তু ফলে তার সম্পূর্ণ বিপরীত হল। কারণ, তার অল্পদিন পরেই ঠাকুরের গলায় অসুখ হল। ক্রমে তা বেড়ে ঠাকুরের ভাত খাওয়া বন্ধ হল এবং গোপালের মা-র হাতে আর একদিনও ভাত খাওয়া হল না।
ওই বিষয়ের দ্বিতীয় দৃষ্টান্ত
একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভাবাবস্থায় বলছেন, “এর পরে আর কিছু খাব না, কেবল পায়সান্ন, কেবল পায়সান্ন।” শ্রীশ্রীমা সেই সময়ে ঠাকুরের খাবার নিয়ে আসছিলেন। ও কথা শুনতে পেয়ে এবং ঠাকুরের শ্রীমুখ দিয়ে যে কথা যখনই বের হয় তা কখনোই নিরর্থক হয় না জেনে, ভয় পেয়ে বললেন—“আমি মাছের ঝোল ভাত রেঁধে দেব, খাবে—পায়েস কেন?” ঠাকুর সেই ভাবাবস্থাতেই বলে উঠলেন, “না—পায়সান্ন।” তার অল্পদিন পরেই ঠাকুরের গলায় অসুখ হওয়ায় বাস্তবিকই আর কোনোরকম ব্যঞ্জন খাওয়া চলল না—কেবল দুধ-ভাত, দুধ-বার্লি ইত্যাদি খেয়েই দিন কাটাতে লাগলেন।
ওই বিষয়ের তৃতীয় দৃষ্টান্ত
কলিকাতার প্রসিদ্ধ দানশীল ধনী ৺শম্ভুচন্দ্র মল্লিক মহাশয়কেই ঠাকুর তাঁর চারজন ‘রসদ্দারে’র ভিতর দ্বিতীয় রসদ্দার বলে উল্লেখ করতেন। রানী রাসমণির কালীবাড়ির কাছেই তাঁর একখানি বাগান ছিল। সেখানে তিনি ভগবৎ-চর্চায় ঠাকুরের সঙ্গে অনেকটা সময় কাটাতেন। ওই বাগানে তাঁর প্রতিষ্ঠিত একটি দাতব্য ঔষধালয়ও ছিল। শ্রীরামকৃষ্ণদেবের পেটের অসুখ অনেক সময়ই লেগে থাকত। একদিন ওইরকম পেটের অসুখের কথা শম্ভুবাবু জানতে পেরে তাঁকে একটু আফিম সেবন করতে ও রাসমণির বাগানে ফেরার সময় তা তাঁর কাছ থেকে নিয়ে যেতে পরামর্শ দিলেন। ঠাকুরও সে কথায় সম্মত হলেন। তারপর কথাবার্তায় সে কথা দুজনেই ভুলে গেলেন।
জগদম্বা ‘বেচালে পা পড়তে’ দেন না
শম্ভুবাবুর কাছ থেকে বিদায় নিয়ে পথে এসে ঠাকুরের সেই কথা মনে পড়ল এবং আফিম নিতে আবার ফিরে এসে দেখলেন, শম্ভুবাবু অন্দরে গেছেন। ঠাকুর সেজন্য তাঁকে আর না ডাকিয়ে তাঁর কর্মচারীর কাছ থেকে একটু আফিম চেয়ে নিয়ে রাসমণির বাগানে ফিরে চললেন। কিন্তু পথে এসেই ঠাকুরের কেমন একটা ঝোঁক এল, পথ আর দেখতে পেলেন না! রাস্তার পাশে যে জলনালা আছে, তাতে যেন কে পা টেনে নিয়ে যেতে লাগল! ঠাকুর ভাবলেন—এ কী? এ তো পথ নয়! অথচ পথও খুঁজে পান না। অগত্যা কোনোভাবে দিক ভুল হয়েছে ঠাউরে, আবার শম্ভুবাবুর বাগানের দিকে তাকিয়ে দেখলেন—সে দিকের পথ বেশ দেখা যাচ্ছে। ভেবেচিন্তে আবার শম্ভুবাবুর বাগানের ফটকে এসে সেখান থেকে ভালো করে লক্ষ করে ফের সাবধানে রাসমণির বাগানের দিকে এগোতে লাগলেন। কিন্তু দু-এক পা আসতে না আসতে আবার আগের মতো হল—পথ আর দেখতে পান না। বিপরীত দিকে যেতে পা টানে! এরকম কয়েকবার হওয়ার পর ঠাকুরের মনে উদয় হল—“ওঃ, শম্ভু বলেছিল, ‘আমার কাছ থেকে আফিম চেয়ে নিয়ে যেও’; তা না করে আমি তাকে না বলে তার কর্মচারীর কাছ থেকে সেটা চেয়ে নিয়ে যাচ্ছি, সেজন্যই মা আমাকে যেতে দিচ্ছেন না! কর্মচারীর শম্ভুর হুকুম ছাড়া দেওয়া উচিত নয়, আর আমারও শম্ভু যেমন বলেছে—তার কাছ থেকেই নেওয়া উচিত। নইলে যেভাবে আমি আফিম নিয়ে যাচ্ছি, তাতে মিথ্যা ও চুরি এই দুটি দোষ হচ্ছে; সেইজন্যই মা আমায় অমন করে ঘোরাচ্ছেন, ফিরে যেতে দিচ্ছেন না!” এ কথা ভেবে শম্ভুবাবুর ঔষধালয়ে ফিরে এসে দেখেন, সেই কর্মচারীও সেখানে নেই—সেও খাওয়াদাওয়া করতে অন্য কোথাও গেছে। কাজেই জানালা গলিয়ে আফিমের মোড়কটি ঔষধালয়ের ভিতর ছুড়ে ফেলে, উচ্চস্বরে “ওগো, এই তোমাদের আফিম রইল” বলে রাসমণির বাগানের দিকে চললেন। এবার যাওয়ার সময় আর তেমন ঝোঁক নেই; রাস্তাও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে; বেশ চলে গেলেন। ঠাকুর বলতেন, “মার উপর সম্পূর্ণ ভার দিয়েছি কিনা? —তাই মা হাত ধরে আছেন। একটুকু বেচালে পা পড়তে দেন না।” এমন কতই না দৃষ্টান্ত আমরা ঠাকুরের জীবনে শুনেছি! চমৎকার ব্যাপার! আমরা কি এ সত্যনিষ্ঠা, এ সর্বাঙ্গীণ নির্ভরতার এতটুকু কল্পনাতেও অনুভব করতে পারি? এ কি সেই প্রকারের নির্ভর, ঠাকুর যার কথা রূপকচ্ছলে আমাদের বারংবার বলতেন, “ওদেশে (ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে) মাঠের মাঝে আলপথ আছে। তার উপর দিয়ে সকলে এক গাঁ থেকে আর এক গাঁয়ে যায়। সরু আলপথ—চলে গেলে পাছে পড়ে যায়, সেজন্য বাপ ছোট ছেলেটিকে কোলে করে নিয়ে যাচ্ছে, আর বড় ছেলেটি সেয়ানা বলে নিজেই বাপের হাত ধরে সঙ্গে যাচ্ছে। যেতে যেতে একটা শঙ্খচিল বা আর কিছু দেখে ছেলেগুলো আহ্লাদে হাততালি দিচ্ছে। কোলের ছেলেটি জানে বাপ আমায় ধরে আছে, নির্ভয়ে আনন্দ করতে করতে চলেছে। আর যে ছেলেটা বাপের হাত ধরে যাচ্ছিল, সে যেই পথের কথা ভুলে বাপের হাত ছেড়ে হাততালি দিতে গেছে—আর অমনি ঢিপ করে পড়ে গিয়ে কেঁদে উঠল! সেই রকম মা যার হাত ধরেছেন, তার আর ভয় নেই; আর যে মার হাত ধরেছে, তার ভয় আছে—হাত ছাড়লেই পড়ে যাবে।”
ঠাকুরের নির্বিকল্প ভূমিতে ওঠার পথে অন্তরায়
এভাবে ঈশ্বরানুরাগের প্রাবল্যে সংসারের কোনো বস্তু বা ব্যক্তির উপরে মনের একটা বিশেষ আকর্ষণ বা পিছুটান ছিল না বলেই নির্বিকল্প সমাধিলাভের পথে সাংসারিক কোনোরকম বাসনা-কামনা ঠাকুরের অন্তরায় হয়ে দাঁড়ায়নি। দাঁড়িয়েছিল কেবল, ঠাকুর যাঁকে এতকাল ভক্তিভরে পূজা করে, ভালোবেসে, সারাৎসারা পরাৎপরা বলে জ্ঞান করে আসছিলেন—শ্রীশ্রীজগদম্বার সেই ‘সৌম্যাঽসৌম্যতরাশেষসৌম্যেভ্যস্ত্বতিসুন্দরী’ মূর্তি! ঠাকুর বলতেন, “মন কুড়িয়ে এক করে যাই এনেচি আর অমনি মা-র মূর্তি এসে সামনে দাঁড়াল! —তখন আর তাঁকে ত্যাগ করে তার পারে আগিয়ে যেতে ইচ্ছা হয় না! যতবার মন থেকে সব জিনিস তাড়িয়ে নিরালম্ব হয়ে থাকতে চেষ্টা করি, ততবারই ঐরূপ হয়। শেষে ভেবে চিন্তে মনে খুব জোর এনে, জ্ঞানকে অসি ভেবে, সেই অসি দিয়ে ঐ মূর্তিটাকে মনে মনে দুখানা করে কেটে ফেললুম! তখন মনে আর কিছুই রইল না—হু হু করে একেবারে নির্বিকল্প অবস্থায় পৌঁছুল।” আমাদের কাছে এগুলি যেন অর্থহীন কথার কথা মাত্র। কারণ, কখনও তো জগদম্বার কোনো মূর্তি বা ভাব ঠিক ঠিক আপন করে নিইনি। কখনও তো কাউকে সমস্ত প্রাণ দিয়ে ভালোবাসতে শিখিনি। তেমন পূর্ণ ভালোবাসা—মনের অন্তস্তল পর্যন্ত ব্যাপ্ত ভালোবাসা—আমাদের রয়েছে—এই মাংসপিণ্ড শরীর ও মনের উপর! সেজন্যই মৃত্যুতে বা মনের হঠাৎ একটা আমূল পরিবর্তনে আমাদের এত ভয় হয়! ঠাকুরের তো তা ছিল না। সংসারে একমাত্র জগদম্বার পাদপদ্মই মনে-জ্ঞানে সার জেনেছিলেন, এবং সেই পাদপদ্ম ধ্যান করে তাঁর শ্রীমূর্তির দিবানিশি সেবা করেই কাল কাটাচ্ছিলেন; কাজেই সেই মূর্তিকে যখন একবার কোনোভাবে মন থেকে সরিয়ে ফেললেন, তখন আর মন কী নিয়ে সংসারে থাকবে? একেবারে আলম্বনবিহীন হয়ে, বৃত্তিরহিত হয়ে, নির্বিকল্প অবস্থায় গিয়ে দাঁড়াল। পাঠক, এ কথা বুঝতে না পারলে অন্তত একবার কল্পনা করার চেষ্টা কোরো। তা হলেই বুঝবে, ঠাকুর শ্রীশ্রীজগন্মাতাকে কতদূর আপন করে নিয়েছিলেন—কী ‘পাঁচসিকে পাঁচ আনা’ মন দিয়ে তিনি জগদম্বাকে ভালোবেসেছিলেন!
একুশ দিন যে ভাবে থাকলে শরীর নষ্ট হয় সেইভাবে ছয় মাস থাকা
এই নির্বিকল্প অবস্থায় ঠাকুর ছয় মাস ধরে প্রায় নিরন্তর ছিলেন। ঠাকুর বলতেন, “যে অবস্থায় সাধারণ জীবেরা পৌঁছুলে আর ফিরতে পারে না, একুশ দিন মাত্র শরীরটে থেকে শুকনো পাতা যেমন গাছ থেকে ঝরে পড়ে তেমনি পড়ে যায়, সেইখানে ছ-মাস ছিলুম। কখন কোন্ দিক দিয়ে যে দিন আসত, রাত যেত, তার ঠিকানাই হতো না! মরা মানুষের নাকে মুখে যেমন মাছি ঢোকে—তেমনি ঢুকত, কিন্তু সাড় হতো না। চুলগুলো ধুলোয় ধুলোয় জটা পাকিয়ে গিয়েছিল! হয়তো অসাড়ে শৌচাদি হয়ে গেছে, তারও হুঁশ হয় নাই! শরীরটে কি আর থাকত? —এই সময়েই যেত। তবে এই সময়ে একজন সাধু এসেছিল। তার হাতে রুলের মতো একগাছা লাঠি ছিল। সে অবস্থা দেখেই চিনেছিল; আর বুঝেছিল—এ শরীরটে দিয়ে মা-র অনেক কাজ এখনো বাকি আছে, এটাকে রাখতে পারলে অনেক লোকের কল্যাণ হবে! তাই খাবার সময় খাবার এনে মেরে মেরে হুঁশ আনবার চেষ্টা করত। একটু হুঁশ হচ্চে দেখেই মুখে খাবার গুঁজে দিত। এই রকমে কোন দিন একটু-আধটু পেটে যেত, কোন দিন যেত না। এই ভাবে ছ-মাস গেছে! তারপর এই অবস্থার কতদিন পরে শুনতে পেলুম মা-র কথা—‘ভাবমুখে থাক্, লোকশিক্ষার জন্য ভাবমুখে থাক্।’ তারপর অসুখ হলো—রক্ত-আমাশয়। পেটে খুব মোচড়, খুব যন্ত্রণা। সেই যন্ত্রণায় প্রায় ছ-মাস ভুগে ভুগে তবে শরীরে একটু একটু করে মন নাবল—সাধারণ মানুষের মতো হুঁশ এল! নতুবা থাকত থাকত মন আপনা-আপনি ছুটে গিয়ে সেই নির্বিকল্প অবস্থায় চলে যেত!”
ঠাকুরের সমাধি সম্বন্ধে ‘কাপ্তেনের’ কথা
বাস্তবিক ঠাকুরের শরীরত্যাগের দশ-বারো বছর আগেও তাঁর দর্শনলাভ যাঁদের ভাগ্যে ঘটেছিল, তাঁদের মুখে শুনেছি, তখনও ঠাকুরের কথাবার্তা শোনা তাঁদের ভাগ্যে বড় একটা জুটত না। চব্বিশ ঘণ্টা ভাব-সমাধি লেগেই আছে! কথা কইবে কে? নেপাল রাজসরকারের কর্মচারী শ্রীবিশ্বনাথ উপাধ্যায় মহাশয়—ঠাকুর যাঁকে ‘কাপ্তেন’ বলে ডাকতেন—তাঁর মুখে আমরা শুনেছি, তিনি একাদিক্রমে তিন অহোরাত্র ঠাকুরকে নিরন্তর সমাধিমগ্ন হয়ে থাকতে দেখেছেন! তিনি আরও বলেছিলেন, ওইরকম দীর্ঘস্থায়ী গভীর সমাধির সময় ঠাকুরের শ্রীঅঙ্গে—ঘাড় থেকে মেরুদণ্ডের শেষ পর্যন্ত এবং হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত, উপর থেকে নিচের দিকে—মধ্যে মধ্যে গাওয়া ঘি মালিশ করা হত এবং সেরকম করা হলে সমাধির উচ্চ ভাবভূমি থেকে ‘আমি আমার’ রাজ্যে আবার নামতে ঠাকুর সুবিধা বোধ করতেন।
সে সম্বন্ধে ঠাকুরের নিজের কথা
আমাদের কাছে ঠাকুর কতদিন স্বয়ং বলেছেন, “এখানকার মনের স্বাভাবিক গতি ঊর্ধ্বদিকে (নির্বিকল্পের দিকে)। সমাধি হলে আর নামতে চায় না। তোদের জন্য জোর করে নামিয়ে আনি। কোন একটা নিচেকার বাসনা না ধরলে নামবার তো জোর হয় না, তাই ‘তামাক খাব’, ‘জল খাব’, ‘সুক্তো খাব’, ‘অমুককে দেখব’, ‘কথা কইব’—এইরূপ একটা ছোটখাট বাসনা মনে তুলে বার বার সেইটে আওড়াতে আওড়াতে তবে মন ধীরে ধীরে নিচে (শরীরে) নামে। আবার নামতে নামতে হয়তো সেই দিকে (ঊর্ধ্বে) চোঁচা দৌড়ুল। আবার তাকে তখন ঐরূপ বাসনা দিয়ে ধরে নামিয়ে আনতে হয়!” চমৎকার ব্যাপার! শুনে আমরা স্তম্ভিত হয়ে বসে থাকতাম, আর ভাবতাম ‘অদ্বৈতজ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই কর’ এ কথার যদি এই মানে হয়, তা হলে তেমন করা আমাদের জীবনে হয়েছে আর কী! শরণাগত হয়ে থাকাই দেখছি আমাদের একমাত্র উপায়। সেরকম করতে গিয়েও কিছুদিন বাদে দেখি, বিষম হাঙ্গামা! সেই পথ আশ্রয় করতে গিয়েও দুষ্ট মন মাঝে মাঝে বলে বসে—আমাকে ঠাকুর সকলের চেয়ে বেশি ভালোবাসবেন না কেন? নরেন্দ্রনাথকে যতটা ভালোবাসেন আমাকেও ততটা কেন ভালোবাসবেন না? আমি তার চেয়ে ছোট কিসে? —ইত্যাদি! যা হোক, সে কথা এখন থাক—আমরা আগের প্রসঙ্গে ফিরি।
মনোভাবপ্রসূত শারীরিক পরিবর্তন সম্বন্ধে প্রাচ্য ও পাশ্চাত্যের মত
উচ্চাঙ্গের ভাব এবং সমাধিতত্ত্ব সম্বন্ধে আমরা ঠাকুরের কাছ থেকে যতদূর বুঝেছি, তারই কিছু কিছু পাঠককে বলে এবার ‘ভাবমুখ’ অবস্থাটা যে কী, তা-ই বোঝানোর চেষ্টা করব। আগেই বলেছি—উচ্চাবচ যে ভাবই মনে আসুক না কেন, তার সঙ্গে কোনো না কোনোরকম শারীরিক পরিবর্তনও অবশ্যম্ভাবী। এ আর বোঝাতে হয় না—নিত্য প্রত্যক্ষের বিষয়। ক্রোধের উদয়ে একরকম, ভালোবাসায় অন্যরকম—এমন নিত্যানুভূত সাধারণ ভাবগুলির আলোচনাতেই তা সহজে বোঝা যায়। আবার সৎ বা অসৎ কোনোরকম চিন্তার সবিশেষ আধিক্য কারও মনে থাকলে তার শরীরেও এতটা পরিবর্তন দেখা দেয় যে, তাকে দেখলেই লোকে বুঝতে পারে—এর প্রকৃতি এইরকম। ‘অমুককে দেখলেই মনে হয় রাগী, কামুক বা সাধু’—এমন কথা যে নিত্য বলা হয়, সেটাই এ বিষয়ের প্রমাণ। আবার দানবতুল্য বিকটাকৃতি বিকৃত-স্বভাবাপন্ন লোক যদি কোনো কারণে ছয় মাস নিরন্তর সৎচিন্তায়, সাধুভাবে কাটায়, তবে তার আকৃতি হাব-ভাব আগের চেয়ে কত কোমল ও সরল হয়ে আসে, তাও বোধ হয় আমাদের ভিতর অনেকেই প্রত্যক্ষ করেছেন। পাশ্চাত্য শরীরতত্ত্ববিৎ বলেন—যেরকম ভাবই তোমার মনে উঠুক না কেন, তা তোমার মস্তিষ্কে চিরকালের জন্য একটি দাগ কেটে যাবে। এভাবে ভালো-মন্দ দু-রকম ভাবের দু-রকম দাগের সমষ্টির কমবেশি নিয়েই তোমার চরিত্র গড়ে ওঠে, আর তুমি ভালো বা মন্দ লোক বলে গণ্য হও। প্রাচ্যের, বিশেষত ভারতের যোগী-ঋষিরা বলেন, এই দু-রকম ভাব মস্তিষ্কে দু-রকম দাগ কেটেই শেষ হয় না—এমন সূক্ষ্ম প্রেরণাশক্তিতে পরিণত হয়, যা ভবিষ্যতে তোমাকে আবার ভালো-মন্দ কর্মে প্রবৃত্ত করতে পারে, এবং মেরুদণ্ডের শেষভাগের ‘মূলাধার’ নামের মেরুচক্রে নিত্যকাল অবস্থান করে; জন্মজন্মান্তরে সঞ্চিত তেমন প্রেরণাশক্তিগুলির সেটাই আবাসভূমি।
কুণ্ডলিনীর সঞ্চিত পূর্ব-সংস্কারের আবাসস্থান ও সেগুলির নাশ কীভাবে হয়
সেগুলির নামই সংস্কার বা পূর্ব-সংস্কার, এবং সেগুলির নাশ হয় একমাত্র শ্রীভগবানের সাক্ষাৎ প্রত্যক্ষ হলে বা নির্বিকল্প সমাধি-লাভ হলে। নইলে দেহ থেকে দেহান্তরে যাওয়ার সময়ও জীব সেই সংস্কারের পুঁটুলিটি ‘বায়ুর্গন্ধানিবাশয়াৎ’ বগলে করে নিয়ে যায়।
শরীর ও মনের সম্বন্ধ
অদ্বৈতজ্ঞান বা শ্রীভগবানের প্রত্যক্ষ সাক্ষাৎকার হওয়ার আগে পর্যন্ত শরীর ও মনের সেই ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে। শরীরে কিছু হলে মনে আঘাত লাগে, আবার মনে কিছু হলে শরীরে আঘাত অনুভব হয়। আবার ব্যক্তির শরীর-মনের মতো, ব্যক্তির সমষ্টি যে সমগ্র মনুষ্যজাতি, তার শরীর ও মনেও এমন সম্বন্ধ রয়েছে। তোমার শরীর-মনের ঘাত-প্রতিঘাত আমার ও অপর সকলের শরীর-মনে লাগে। এভাবে বাহ্য ও আন্তর, স্থূল ও সূক্ষ্ম জগৎ নিত্য সম্বন্ধে অবস্থিত ও পরস্পর পরস্পরের প্রতি নিরন্তর ঘাত-প্রতিঘাত করছে। সেইজন্যই দেখা যায়—যেখানে সকলে শোকাকুল, সেখানে তোমারও মনে শোকের উদয় হবে। যেখানে সকলে ভক্তিমান, সেখানে তোমারও মনে বিনা চেষ্টায় ভক্তিভাব আসবে। এভাবে অন্যান্য বিষয়েও বুঝতে হবে।
ভাবগুলি সংক্রামক বলেই সাধুসঙ্গ অনুষ্ঠেয়
সেইজন্যই দেখা যায় শারীরিক রোগ ও স্বাস্থ্যের মতো মানসিক বিকার বা ভাবগুলিরও সংক্রামক শক্তি আছে। সেগুলিও অধিকারিভেদে সংক্রমিত হয়। ভগবদনুরাগ উদ্দীপিত করার জন্য শাস্ত্র সাধুসঙ্গের এত মাহাত্ম্য কীর্তন করেছেন। সেইজন্যই যারা তাঁর কাছে একবার যেত, ঠাকুর তাদের “এখানে যাওয়া-আসা করো—প্রথম প্রথম এখানে বেশি বেশি যাওয়া-আসাটা রাখতে হয়” ইত্যাদি বলতেন। যাক এখন সে কথা।
একনিষ্ঠাপ্রসূত শারীরিক পরিবর্তন
সাধারণ মানসিক ভাবগুলির মতো শ্রীভগবানের প্রতি একান্ত একনিষ্ঠ তীব্র অনুরাগে যে সমস্ত ভাব মনে উদয় হয়, সেগুলিও অপূর্ব শারীরিক পরিবর্তন এনে দেয়। যেমন—সেরকম অনুরাগ দেখা দিলে সাধকের রূপরসাদির উপর টান কমে যায়—আহার-নিদ্রা কমে আসে—খাদ্যবিশেষে রুচি ও অন্যরকম খাদ্যে বিতৃষ্ণা দেখা দেয়—স্ত্রীপুত্রাদি যেসকল ব্যক্তির সঙ্গে মায়িক সম্বন্ধ তাকে শ্রীভগবান থেকে বিমুখ করে, তাদের বিষবৎ পরিত্যাগ করতে ইচ্ছা হয়—বায়ুপ্রধান ধাত (ধাতু) হয়—ইত্যাদি; ঠাকুর যেমন বলতেন, “বিষয়ী লোকের হাওয়া সইতে পারতুম না, আত্মীয়-স্বজনের সংসর্গে যেন দম বন্ধ হয়ে প্রাণটা বেরিয়ে যাবার মতো হতো”; আবার বলতেন, “ঈশ্বরকে যে ঠিক ঠিক ডাকে, তার শরীরে মহাবায়ু গর-গর করে মাথায় গিয়ে উঠবেই উঠবে” ইত্যাদি।
ভক্তিপথ ও যোগমার্গের সামঞ্জস্য
অতএব দেখা যাচ্ছে, ভগবদনুরাগে যেসব মানসিক পরিবর্তন বা ভাব আসে, সেগুলিরও এক-একটা শারীরিক প্রতিকৃতি বা রূপ আছে। মনের দিক দিয়ে দেখে বৈষ্ণবতন্ত্র এই সব ভাবকে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর—এই পাঁচ ভাগে বিভক্ত করেছেন; আর এই সব মানসিক বিকারকে আশ্রয় করে যেসব শারীরিক পরিবর্তন দেখা দেয়, সেগুলির দিক দিয়ে দেখে যোগশাস্ত্র মেরুদণ্ড ও মস্তিষ্কের অন্তর্গত কুণ্ডলিনীশক্তি ও ষট্চক্রাদির বর্ণনা করেছেন।
কুণ্ডলিনী কাকে বলে ও তার সুপ্ত এবং জাগ্রত অবস্থা
কুণ্ডলী বা কুণ্ডলিনীশক্তির সংক্ষেপে পরিচয় আমরা আগেই দিয়েছি। ইহজন্মে এবং পূর্ব পূর্ব জন্মজন্মান্তরে জীবের যত মানসিক পরিবর্তন বা ভাব হচ্ছে ও হয়েছিল, সেগুলির সূক্ষ্ম শারীরিক প্রতিকৃতি অবলম্বন করে যে মহা ওজস্বিনী প্রেরণাশক্তি রয়েছে, তাকেই পতঞ্জলি-প্রমুখ ঋষিরা এই আখ্যা দিয়েছেন। যোগী বলেন, সেই শক্তি বদ্ধজীবে প্রায় সম্পূর্ণ সুপ্ত বা অপ্রকাশিত অবস্থায় থাকে। তার এই সুপ্তাবস্থাতেই জীবের স্মৃতি, কল্পনা প্রভৃতি বৃত্তির উদয় হয়। সে যদি কোনোভাবে সম্পূর্ণ জাগরিত বা প্রকাশিত হয়, তবেই জীবকে পূর্ণজ্ঞানলাভে প্রেরণ করে শ্রীভগবানের সাক্ষাৎকার লাভ করিয়ে দেয়। যদি বল, সুপ্তাবস্থায় কুণ্ডলিনীশক্তি থেকে কেমন করে স্মৃতি-কল্পনা প্রভৃতির উদয় হতে পারে? তার উত্তরে বলি, সুপ্ত হলেও বাইরের রূপ-রসাদি পদার্থ পঞ্চেন্দ্রিয়-দ্বার দিয়ে নিরন্তর মস্তিষ্কে যে আঘাত করছে, সেজন্য তার একটু-আধটু ক্ষণমাত্রস্থায়ী চেতনা আসে। যেমন মশার কামড়ে ঘুমন্ত মানুষের হাত নিজে থেকেই মশাকে মারে বা জায়গাটা চুলকায় ইত্যাদি, সেইরকম।
জাগরিতা কুণ্ডলিনীর গতি—ষট্চক্রভেদ ও সমাধি
যোগী বলেন, মস্তিষ্কের মধ্যে ব্রহ্মরন্ধ্রের অবকাশ বা আকাশে অখণ্ডসচ্চিদানন্দস্বরূপ পরমাত্মা বা শ্রীভগবান জ্ঞানস্বরূপে অবস্থান করেন। তাঁর প্রতি সেই কুণ্ডলীশক্তির বিশেষ অনুরাগ আছে, অথবা শ্রীভগবান তাকে নিরন্তর আকর্ষণ করছেন। কিন্তু জাগরিত না থাকায় কুণ্ডলীশক্তির সে আকর্ষণ অনুভব হচ্ছে না। জাগরিত হওয়ামাত্র সে শ্রীভগবানের সেই আকর্ষণ অনুভব করবে এবং তাঁর নিকটস্থ হবে। কুণ্ডলী যে পথে এভাবে শ্রীভগবানের নিকটস্থ হবে, সে পথও আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে। মস্তিষ্ক থেকে আরম্ভ হয়ে মেরুদণ্ডের মধ্য দিয়ে বরাবর সেই পথ মেরুদণ্ডের মূলে ‘মূলাধার’ নামের মেরুচক্র পর্যন্ত এসেছে। সেই পথই যোগশাস্ত্র-কথিত সুষুম্নাবর্ত্ম। পাশ্চাত্য শরীরতত্ত্ববিৎ সেই পথকেই canal centralis (মধ্যপথ) বলে উল্লেখ করেছে, কিন্তু তার কোনোরকম আবশ্যকতা বা কার্যকারিতা এ পর্যন্ত খুঁজে পায়নি। সেই পথ দিয়েই কুণ্ডলী আগে পরমাত্মা থেকে বিযুক্ত হয়ে মস্তিষ্ক থেকে মেরুচক্রে বা মূলাধারে এসে ঘুমিয়ে পড়েছে। আবার সেই পথ দিয়েই সে মেরুদণ্ডের মধ্যে ঊর্ধ্বে ঊর্ধ্বে অবস্থিত ছয়টি চক্র ক্রমে ক্রমে অতিক্রম করে পরিশেষে মস্তিষ্কে উপনীত হয়।[3] কুণ্ডলী জাগরিত হয়ে এক চক্র থেকে অন্য চক্রে যেমনি পৌঁছয়, অমনি জীবের এক এক প্রকার অভূতপূর্ব উপলব্ধি হতে থাকে; এবং এভাবে যখনই সে মস্তিষ্কে উপনীত হয়, তখনই জীবের ধর্মবিজ্ঞানের চরমোপলব্ধি বা অদ্বৈতজ্ঞানে ‘কারণং কারণানাং’ পরমাত্মার সঙ্গে তন্ময়ত্ব আসে। তখনই জীবের ভাবেরও চরমোপলব্ধি হয় বা যে মহাভাব অবলম্বন করে অপর সব ভাব মানবমনে সর্বক্ষণ উদিত হচ্ছে, সেই ‘ভাবাতীত ভাবে’ তন্ময় হয়ে থাকার অবস্থা আসে।
সে সম্বন্ধে ঠাকুরের অনুভব
কী সরল কথা দিয়েই না ঠাকুর যোগের এই সব জটিল তত্ত্ব আমাদের বোঝাতেন! বলতেন, “দ্যাখ, সড় সড় করে একটা পা থেকে মাথায় গিয়ে উঠে! যতক্ষণ না সেটা মাথায় গিয়ে উঠে ততক্ষণ হুঁশ থাকে; আর যেই সেটা মাথায় গিয়ে উঠল আর একেবারে বেব্ভুল হয়ে যাই, তখন আর দেখাশুনাই থাকে না, তা কথা কওয়া! কথা কইবে কে? —‘আমি’ ‘তুমি’ এ বুদ্ধিই চলে যায়! মনে করি তোদের সব বলব—সেটা উঠতে উঠতে কত কী দর্শন-টর্শন হয় সব কথা বলব। যতক্ষণ সেটা (হৃদয় ও কণ্ঠ দেখিয়ে) এ অবধি বা এই অবধি বড় জোর উঠেছে, ততক্ষণ বলা চলে ও বলি; কিন্তু যেই সেটা (কণ্ঠ দেখিয়ে) এখান ছাড়িয়ে উঠল, আর অমনি যেন কে মুখ চেপে ধরে, আর বেব্ভুল হয়ে যায়—সামলাতে পারিনি! (কণ্ঠ দেখিয়ে) ওর উপরে গেলে কী রকম সব দর্শন হয় তা বলতে গিয়ে যেই ভাবচি কী রকম দেখিছি, আর অমনি মন হুস্ করে উপরে উঠে যায়—আর বলা যায় না!”
ঠাকুরের নির্বিকল্প সমাধিকালের অনুভব বলার চেষ্টা
আহা, কণ্ঠের উপরের চক্রে মন উঠলে কেমন দর্শনাদি হয়, তা অশেষ প্রয়াসে নিজেকে সামলে আমাদের কাছে বলতে গিয়েও ঠাকুর কতদিন যে পারেননি, তা বলা যায় না! আমাদের এক বন্ধু বলেন, “একদিন এইভাবে খুব জোর করে ‘আজ তোদের কাছে সব কথা বলব, একটুও লুকোব না’ বলে আরম্ভ করলেন। হৃদয় ও কণ্ঠ পর্যন্ত সব চক্রাদির কথা বেশ বললেন, তারপর ভ্রূমধ্যস্থল দেখিয়ে বললেন, ‘এইখানে মন উঠলেই পরমাত্মার দর্শন হয় ও জীবের সমাধি হয়। তখন পরমাত্মা ও জীবাত্মার মধ্যে কেবল একটি স্বচ্ছ পাতলা পর্দামাত্র আড়াল (ব্যবধান) থাকে। সে তখন এইরকম দ্যাখে’—বলে যেই পরমাত্মার দর্শনের কথা বিশেষ করে বলতে আরম্ভ করলেন, অমনি সমাধিস্থ হলেন। সমাধিভঙ্গে পুনরায় বলতে চেষ্টা করলেন, পুনরায় সমাধিস্থ হলেন! এভাবে বার বার চেষ্টার পর সজলনয়নে আমাদের বললেন, ‘ওরে, আমি তো মনে করি সব কথা বলি, এতটুকুও তোদের কাছে লুকোব না, কিন্তু মা কিছুতেই বলতে দিলে না—মুখ চেপে ধরলে!’ আমরা অবাক হয়ে ভাবতে লাগলাম—এ কী ব্যাপার! দেখছি উনি এত চেষ্টা করছেন, বলবেন বলে। না বলতে পেরে ওঁর কষ্টও হচ্ছে বুঝছি, কিন্তু কিছুতেই পারছেন না—মা বেটী কিন্তু ভারি দুষ্ট! উনি ভালো কথা বলবেন, ভগবদ্দর্শনের কথা বলবেন, তাতে মুখ চেপে ধরা কেন বাপু? তখন কি আর বুঝি যে, মন-বুদ্ধি যাদের সাহায্যে বলা-কওয়াগুলো হয়, তাদের দৌড় বড় বেশি দূর নয়; আর তারা যতদূর দৌড়তে পারে তার বাইরে না গেলে পরমাত্মার পূর্ণ দর্শন হয় না! ঠাকুর যে আমাদের প্রতি ভালোবাসায় অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছেন—এই কথা কি তখন বুঝতে পারতাম?”
সমাধিপথে কুণ্ডলিনীর পাঁচ প্রকারের গতি
কুণ্ডলিনীশক্তি সুষুম্নাপথে ওঠার সময় যে যে রকম অনুভব হয়, সে সম্বন্ধে ঠাকুর আরও বিশেষ করে বলতেন, “দেখ, যেটা সড় সড় করে মাথায় উঠে, সেটা সব সময় এক রকম ভাবে উঠে না। শাস্ত্রে সেটার পাঁচ রকম গতির কথা আছে—যথা, পিপীলিকাগতি—যেমন পিঁপড়েগুলো খাবার মুখে করে সার দিয়ে সুড়সুড় করে যায়, সেই রকম পা থেকে একটা সুড়সুড়ানি আরম্ভ হয়ে ক্রমে ক্রমে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, মাথা পর্যন্ত যায় আর সমাধি হয়! ভেকগতি—ব্যাঙগুলো যেমন টুপ টুপ টুপ—টুপ টুপ টুপ করে দু-তিন বার লাফিয়ে একটু থামে, আবার দু-তিন বার লাফিয়ে আবার একটু থামে, সেইরকম করে কী একটা পায়ের দিক থেকে মাথায় উঠছে বোঝা যায়; আর যেই মাথায় উঠল আর সমাধি! সর্পগতি—সাপগুলো যেমন লম্বা হয়ে বা পুঁটুলি পাকিয়ে চুপ করে পড়ে আছে, আর যেই সামনে খাবার (শিকার) দেখেছে বা ভয় পেয়েছে, অমনি কিলবিল কিলবিল করে এঁকে বেঁকে ছোটে, সেইরকম করে ওটা কিলবিল করে একেবারে মাথায় গিয়ে উঠে আর সমাধি! পক্ষিগতি—পক্ষীগুলো যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে বসবার সময় হুস করে উড়ে কখনো একটু উঁচুতে উঠে, কখনো একটু নিচুতে নাবে, কিন্তু কোথাও বিশ্রাম করে না, একেবারে যেখানে বসবে মনে করেছে সেইখানে গিয়ে বসে, সেইরকম করে ওটা মাথায় উঠে ও সমাধি হয়! বাঁদরগতি—হনুমানগুলো যেমন এক গাছ থেকে আর এক গাছে যাবার সময় ‘উউপ’ করে এক ডাল থেকে আর এক ডালে গিয়ে পড়ল, সেখান থেকে ‘উউপ’ করে আর এক ডালে গিয়ে পড়ল—এইরূপে দু-তিন লাফে যেখানে মনে করেছে সেখানে উপস্থিত হয়, সেই রকম করে ওটাও দু-তিন লাফে মাথায় গিয়ে উঠে বোঝা যায় ও সমাধি হয়।”
বেদান্তের সপ্তভূমি ও প্রত্যেক ভূমিলব্ধ আধ্যাত্মিক দর্শন সম্বন্ধে ঠাকুরের কথা
কুণ্ডলিনীশক্তি সুষুম্নাপথে ওঠার সময় প্রতি চক্রে কী কী রকম দর্শন হয় সে বিষয়ে বলতেন, “বেদান্তে আছে সপ্ত ভূমির কথা। এক এক রকম দর্শন হয়। মনের স্বভাবতঃ নিচের তিন ভূমিতে ওঠা-নামা, ঐ দিকেই দৃষ্টি—গুহ্য, লিঙ্গ, নাভি—খাওয়া, পরা, রমণ ইত্যাদিতে। ঐ তিন ভূমি ছাড়িয়ে যদি হৃদয়ে উঠে তো তখন তার জ্যোতি দর্শন হয়। কিন্তু হৃদয়ে কখনো কখনো উঠলেও মন আবার নিচের তিন ভূমি—গুহ্য, লিঙ্গ, নাভিতে নেমে যায়। হৃদয় ছাড়িয়ে যদি কারও মন কণ্ঠে উঠে তো সে আর ঈশ্বরীয় কথা ছাড়া আর কোন কথা—যেমন বিষয়ের কথা-টথা, কইতে পারে না। তখন তখন এমনি হতো—বিষয়কথা যদি কেউ কয়েছে তো মনে হতো মাথায় লাঠি মারলে; দূরে পঞ্চবটীতে পালিয়ে যেতাম, সেখানে ওসব কথা শুনতে পাব না। বিষয়ী দেখলে ভয়ে লুকোতুম! আত্মীয়-স্বজনকে যেন কূপ বলে মনে হতো—মনে হতো তারা যেন টেনে কূপে ফেলবার চেষ্টা করছে, পড়ে যাব আর উঠতে পারব না। দম বন্ধ হয়ে যেত, মনে হতো যেন প্রাণ বেরোয় বেরোয়—সেখান থেকে পালিয়ে এলে তবে শান্তি হতো! —কণ্ঠে উঠলেও মন আবার গুহ্য, লিঙ্গ, নাভিতে নেমে যেতে পারে, তখন সাবধানে থাকতে হয়। তারপর কণ্ঠ ছাড়িয়ে যদি কারও মন ভ্রূমধ্যে ওঠে তো তার আর পড়বার ভয় নেই। তখন পরমাত্মার দর্শন হয়ে নিরন্তর সমাধিস্থ থাকে। এখানটার আর সহস্রারের মাঝে একটা কাচের মতো স্বচ্ছ পর্দামাত্র আড়াল আছে। তখন পরমাত্মা এত নিকটে যে, মনে হয় যেন তাঁতে মিশে গেছি; এক হয়ে গেছি; কিন্তু তখনো এক হয়নি। এখান থেকে মন যদি নামে তো বড় জোর কণ্ঠ বা হৃদয় পর্যন্ত নামে—তার নিচে আর নামতে পারে না। জীবকোটিরা এখান থেকে আর নামে না—একুশ দিন নিরন্তর সমাধিতে থাকবার পর ঐ আড়ালটা বা পর্দাটা ভেদ হয়ে যায়, আর তাঁর সঙ্গে একেবারে মিশে যায়। সহস্রারে পরমাত্মার সঙ্গে একেবারে মেশামেশি হয়ে যাওয়াই সপ্তম ভূমিতে উঠা।”
ঠাকুরের শ্রুতিধরত্ব
ঠাকুরকে ওসব বেদ-বেদান্ত, যোগ-বিজ্ঞানের কথা বলতে শুনে আমাদের কেউ কেউ আবার কখনও কখনও তাঁকে জিজ্ঞাসা করত, ‘মশাই, আপনি তো লেখাপড়ার কখনো ধার ধারেননি, এত সব জানলেন কোথা থেকে?’ অদ্ভুত ঠাকুরের ওই অদ্ভুত প্রশ্নেও বিরক্তি নেই! একটু হেসে বলতেন, “নিজে পড়ি নাই, কিন্তু ঢের সব যে শুনেছি গো! সেসব মনে আছে! অপরের কাছ থেকে, ভাল ভাল পণ্ডিতের কাছ থেকে, বেদ-বেদান্ত দর্শন-পুরাণ সব শুনেছি। শুনে, তাদের ভেতর কী আছে জেনে, তারপর সেগুলোকে (গ্রন্থগুলোকে) দড়ি দিয়ে মালা করে গেঁথে গলায় পরে নিয়েচি—‘এই নে তোর শাস্ত্র-পুরাণ, আমায় শুদ্ধা ভক্তি দে’ বলে মার পাদপদ্মে ফেলে দিয়েছি!”
ঠাকুরের অদ্বৈতভাব সহজে বোঝানো
বেদান্তের অদ্বৈতভাব বা ভাবাতীত ভাব সম্বন্ধে বলতেন, “ওটা সবশেষের কথা। কী রকম জানিস? —যেমন অনেক দিনের পুরোনো চাকর। মনিব তার গুণে খুশি হয়ে তাকে সকল কথায় বিশ্বাস করে, সব বিষয়ে পরামর্শ করে। একদিন খুব খুশি হয়ে তার হাত ধরে নিজের গদিতেই বসাতে গেল! চাকর সঙ্কোচ করে ‘কী কর, কী কর’ বললেও মনিব জোর করে টেনে বসিয়ে বললে, ‘আঃ বস না! তুইও যে, আমিও সে’—সেই রকম।”
ওই বিষয়ের দৃষ্টান্ত—স্বামী তুরীয়ানন্দ
আমাদের জনৈক বন্ধু[4] এক সময়ে বেদান্তচর্চায় বিশেষ মনোনিবেশ করেন। ঠাকুর তখন বর্তমান, এবং বন্ধুটির আকুমার ব্রহ্মচর্য, ভক্তি, নিষ্ঠা প্রভৃতির জন্য তাঁকে বিশেষ ভালোবাসতেন। বেদান্তচর্চা ও ধ্যানভজনাদিতে নিবিষ্ট হয়ে বন্ধুটি আগে আগে ঠাকুরের কাছে যেমন ঘন ঘন যাতায়াত করতেন, কিছুদিন তেমন করেননি বা করতে পারেননি। ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টি তা এড়ায়নি। বন্ধুটির সঙ্গে যাতায়াত করত এমন এক ব্যক্তিকে দক্ষিণেশ্বরে একা দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন, “কী রে, তুই যে একলা—সে আসেনি?” সেই ব্যক্তি বলল, “সে মশাই আজকাল খুব বেদান্তচর্চায় মন দিয়েছে। রাত দিন পাঠ, বিচারতর্ক নিয়ে আছে। তাই বোধ হয় সময় নষ্ট হবে বলে আসেনি।” ঠাকুর শুনে আর কিছুই বললেন না।
বেদান্ত আর কী? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা—এই ধারণা
তার কিছুদিন পরেই, আমরা যাঁর কথা বলছি তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে এলেন। তাঁকে দেখেই ঠাকুর বললেন, “কী গো, তুমি নাকি আজকাল খুব বেদান্তবিচার করচ? তা বেশ, বেশ। তা বিচার তো খালি এই গো—ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা—না আর কিছু?”
বন্ধু— আজ্ঞা হাঁ, আর কী?
বন্ধু বলেন, বাস্তবিকই ঠাকুর সেদিন ওই কয়টি কথায় বেদান্ত সম্বন্ধে তাঁর চোখ যেন সম্পূর্ণ খুলে দিয়েছিলেন। কথাগুলি শুনে তিনি বিস্মিত হয়ে ভেবেছিলেন—বাস্তবিকই তো, ওই কয়টি কথা হৃদয়ে ধারণা হলে বেদান্তের সব কথাই বোঝা হয়ে গেল!
ঠাকুর— শ্রবণ, মনন, নিদিধ্যাসন। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা—আগে শুনলে; তারপর মনন—বিচার করে মনে মনে পাকা করলে; তারপর নিদিধ্যাসন—মিথ্যা বস্তু জগৎকে ত্যাগ করে সদ্বস্তু ব্রহ্মের ধ্যানে মন লাগালে—এই। কিন্তু তা না হয়ে শুনলুম, বুঝলুম কিন্তু যেটা মিথ্যা সেটাকে ছাড়তে চেষ্টা করলুম না—তা হলে কী হবে? সেটা হচ্চে সংসারীদের জ্ঞানের মতো; ও রকম জ্ঞানে বস্তুলাভ হয় না। ধারণা চাই, ত্যাগ চাই—তবে হবে। তা না হলে, মুখে বলচ বটে, ‘কাঁটা নেই, খোঁচা নেই’, কিন্তু যেই হাত দিয়েছ অমনি প্যাঁট করে কাঁটা ফুটে উঁহু উঁহু করে উঠতে হবে, মুখে বলচ ‘জগৎ নেই, অসৎ—একমাত্র ব্রহ্মই আছেন’ ইত্যাদি, কিন্তু যেই জগতের রূপরসাদি বিষয় সম্মুখে আসা, অমনি সেগুলো সত্যজ্ঞান হয়ে বন্ধনে পড়া। পঞ্চবটীতে এক সাধু এসেছিল। সে লোকজনের সঙ্গে খুব বেদান্ত-টেদান্ত বলে। তারপর একদিন শুনলুম, একটা মাগীর সঙ্গে নটঘট হয়েছে। তারপর ওদিকে শৌচে গিয়েছি, দেখি সে বসে আছে। বললুম, ‘তুমি এত বেদান্ত-টেদান্ত বল, আবার এসব কী?’ সে বললে, ‘তাতে কী? আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তাতে দোষ নেই। যখন জগৎটাই তিন কালে মিথ্যা হলো, তখন ঐটেই কি সত্য হবে? ওটাও মিথ্যা।’ আমি তো শুনে বিরক্ত হয়ে বলি, ‘তোর অমন বেদান্তজ্ঞানে আমি মুতে দি!’ ওসব হচ্চে সংসারী, বিষয়ী জ্ঞানীর জ্ঞান। ও জ্ঞান জ্ঞানই নয়।
বন্ধু বলেন, সেদিন ওই পর্যন্তই কথা হল। কথাগুলি ঠাকুর তাঁকে সঙ্গে নিয়ে পঞ্চবটীতলে বেড়াতে বেড়াতে বললেন। এর আগে তাঁর ধারণা ছিল—উপনিষদ, পঞ্চদশী ইত্যাদি নানা জটিল গ্রন্থ অধ্যয়ন না করলে, সাংখ্য-ন্যায়াদি দর্শনে ব্যুৎপত্তিলাভ না করলে বেদান্ত কখনোই বোঝা যাবে না এবং মুক্তিলাভও সুদূরপরাহত থাকবে। ঠাকুরের সেদিনকার কথাতেই বুঝলেন, বেদান্তের যত কিছু বিচার সব ওই ধারণাটি হৃদয়ে দৃঢ় করার জন্য। ঝুড়ি ঝুড়ি দর্শন ও বিচারগ্রন্থ পড়ে যদি কারও মনে ‘ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা’ কথাটির নিশ্চিত ধারণা না হয়, তবে সেসব পড়া আর না পড়া দুই-ই সমান। সেদিন তিনি ঠাকুরের কাছে বিদায় নিলেন এবং এখন থেকে গ্রন্থপাঠাদির চেয়ে সাধনভজনেই বেশি মনোনিবেশ করবেন—এরকম নানা কথা ভাবতে ভাবতে কলিকাতার দিকে ফিরলেন। এভাবে সাধনার সাহায্যে ঈশ্বর প্রত্যক্ষ করার সংকল্প মনে স্থির করে তিনি তখন থেকে সেই অনুযায়ী কাজে বিশেষভাবে মনোনিবেশ করলেন।
ঠাকুর কলিকাতায় কারও বাড়িতে এলে অল্পক্ষণের মধ্যেই সে কথা তাঁর বিশিষ্ট ভক্তদের মধ্যে জানাজানি হয়ে যেত। কয়েকজন লোক যে বিশেষভাবে ওই কাজের ভার নিয়ে সকলকে সে কথা জানিয়ে আসতেন, তা নয়। কিন্তু ঠাকুরকে সর্বদা দর্শন করার জন্য ভক্তদের প্রাণ এতই উন্মুখ হয়ে থাকত, এবং কাজের গতিকে দক্ষিণেশ্বরে তাঁকে দর্শন করতে যেতে না পারলে তারা পরস্পরের বাড়িতে সর্বদা যাতায়াত করে তাঁর বিষয়ে কথাবার্তা বলে এত আনন্দ পেত যে, তাদের ভিতর একজন কোনোভাবে ঠাকুরের আগমন-সংবাদ জানতে পারলেই অতি অল্প সময়ের মধ্যেই তা অনেকের ভিতর বিনা চেষ্টায় মুখে মুখে রাষ্ট্র হয়ে পড়ত। ঠাকুরের শক্তিতে ভক্তেরা পরস্পরের সঙ্গে কী যে এক অনির্বচনীয় প্রেমবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তা পাঠককে বোঝানো দুষ্কর। কলিকাতায় বাগবাজার, সিমলা ও আহিরীটোলা পাড়াতেই ঠাকুরের অনেক ভক্ত বাস করতেন, সেজন্য তিনি অধিকাংশ সময়ে ওই তিন জায়গাতেই আসতেন। তার মধ্যে আবার বাগবাজারেই তিনি বেশি আসতেন।
সেই ঘটনার কিছুকাল পরে ঠাকুর একদিন বাগবাজারে ৺বলরাম বসু মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছেন। বাগবাজার অঞ্চলের ভক্তেরা সংবাদ পেয়ে অনেকে উপস্থিত হলেন। আমাদের সেই বন্ধুর আবাস অতি কাছেই ছিল। ঠাকুর তাঁর কথা জিজ্ঞাসা করায় পাড়ার পরিচিত এক প্রতিবেশী যুবক গিয়ে তৎক্ষণাৎ তাঁকে ডেকে নিয়ে এলেন। বলরামবাবুর বাড়ির দোতলার প্রশস্ত বৈঠকখানায় প্রবেশ করেই বন্ধু ভক্তমণ্ডলীপরিবৃত ঠাকুরকে দর্শন করলেন এবং তাঁকে প্রণাম করে কাছেই এক পাশে বসলেন। ঠাকুরও সহাস্যে শুধু তাঁর কুশল জিজ্ঞাসা করেই চলতি প্রসঙ্গে কথাবার্তা বলতে লাগলেন।
দু-একটি কথার ভাবেই বন্ধু বুঝতে পারলেন, ঠাকুর উপস্থিত সকলকে বোঝাচ্ছেন—জ্ঞান বল, ভক্তি বল, দর্শন বল, কিছুই ঈশ্বরের কৃপা ছাড়া হবার নয়। শুনতে শুনতে তাঁর মনে হতে লাগল, ঠাকুর তাঁর মনের ভুল ধারণাটি দূর করার জন্যই আজ যেন ওই প্রসঙ্গ তুলেছেন। মনে হতে লাগল, ঠাকুর সে সম্বন্ধে যা কিছু বলছেন তা তাঁকে লক্ষ্য করেই বলছেন!
ঈশ্বরকৃপা ছাড়া ঈশ্বরলাভ হয় না
শুনলেন, ঠাকুর বলছেন—“কী জান? কাম-কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া, জগৎটা তিন কালেই অসৎ বলে ঠিক ঠিক মনে জ্ঞানে ধারণা হওয়া কি কম কথা? তাঁর দয়া না হলে কি হয়? তিনি কৃপা করে ঐরূপ ধারণা যদি করিয়ে দেন তো হয়। নইলে মানুষ নিজে সাধন করে সেটা কি ধারণা করতে পারে? তার কতটুকু শক্তি? সেই শক্তি দিয়ে সে কতটুকু চেষ্টা করতে পারে?” এভাবে ঈশ্বরের দয়ার কথা বলতে বলতে ঠাকুরের সমাধি হল। কিছুক্ষণ পরে অর্ধবাহ্যদশা প্রাপ্ত হয়ে বলতে লাগলেন, “একটা ঠিক করতে পারে না, আবার আর একটা চায়!” ওই কথাগুলি বলেই ঠাকুর সেই ভাবাবস্থায় গান ধরলেন –
“ওরে কুশীলব, করিস কি গৌরব,
ধরা না দিলে কি পারিস ধরিতে।”
গাইতে গাইতে ঠাকুরের দুই চোখ দিয়ে এত জলধারা বইতে লাগল যে, বিছানার চাদরের খানিকটা ভিজে গেল! বন্ধুও সে অপূর্ব শিক্ষায় দ্রবীভূত হয়ে কেঁদে আকুল। অনেকক্ষণ পরে তবে দুজনে প্রকৃতিস্থ হলেন। বন্ধু বলেন, “সে শিক্ষা চিরকাল আমার হৃদয়ে অঙ্কিত হয়ে রয়েছে। সেদিন থেকেই বুঝলাম ঈশ্বরের কৃপা ছাড়া কিছুই হবার নয়।”
শশধর পণ্ডিত ঠাকুরকে যোগশক্তিবলে রোগ সারাতে বলায় ঠাকুরের উত্তর
ঠাকুরের অদ্বৈতজ্ঞানের গভীরতা সম্বন্ধে আর একটি কথা এখানে না বলে আমরা থাকতে পারছি না। ঠাকুরের তখন অসুখ—কাশীপুরের বাগানে—বাড়াবাড়ি। শ্রীযুত শশধর তর্কচূড়ামণি, সঙ্গে কয়েকজন, অসুখের কথা শুনে দেখতে এলেন। পণ্ডিতজী কথায় কথায় ঠাকুরকে বললেন, “মহাশয়, শাস্ত্রে পড়েছি আপনাদের ন্যায় পুরুষ ইচ্ছামাত্রেই শারীরিক রোগ আরাম করে ফেলতে পারেন। আরাম হোক মনে করে মন একাগ্র করে একবার অসুস্থ স্থানে কিছুক্ষণ রাখলেই সব সেরে যায়। আপনার একবার ঐরূপ করলে হয় না?”
ঠাকুর বললেন, “তুমি পণ্ডিত হয়ে একথা কী করে বললে গো? যে মন সচ্চিদানন্দকে দিয়েছি, তাকে সেখান থেকে তুলে এনে এ ভাঙা হাড়-মাসের খাঁচাটার উপর দিতে কি আর প্রবৃত্তি হয়?”
স্বামী বিবেকানন্দ প্রভৃতি ভক্তদের ঠাকুরকে সেই বিষয়ে অনুরোধ ও ঠাকুরের উত্তর
পণ্ডিতজী নিরুত্তর হলেন; কিন্তু স্বামী বিবেকানন্দ-প্রমুখ ভক্তেরা নিশ্চেষ্ট রইলেন না। পণ্ডিতজী চলে যাওয়ার পরেই সেরকম করার জন্য ঠাকুরকে একেবারে বিশেষ করে ধরে বসলেন। বললেন, “আপনাকে অসুখ সারাতেই হবে, আমাদের জন্য সারাতে হবে।”
ঠাকুর— আমার কি ইচ্ছা রে যে, আমি রোগে ভুগি; আমি তো মনে করি সারুক, কিন্তু সারে কই? সারা, না সারা, মা-র হাত।
স্বামী বিবেকানন্দ—তবে মাকে বলুন সারিয়ে দিতে, তিনি আপনার কথা শুনবেনই শুনবেন।
ঠাকুর— তোরা তো বলছিস, কিন্তু ও কথা যে মুখ দিয়ে বেরোয় না রে!
শ্রীযুত স্বামীজী—তা হবে না মশাই, আপনাকে বলতেই হবে। আমাদের জন্য বলতে হবে।
ঠাকুর— আচ্ছা, দেখি, পারি তো বলব।
কয়েক ঘণ্টা পরে শ্রীযুক্ত স্বামীজী আবার ঠাকুরের কাছে এসে জিজ্ঞাসা করলেন, “মশায়, বলেছিলেন? মা কী বললেন?”
ঠাকুর— মাকে বললুম (গলার ক্ষত দেখিয়ে), ‘এইটের দরুন কিছু খেতে পারি না; যাতে দুটি খেতে পারি করে দে।’ তা মা বললেন—তোদের সকলকে দেখিয়ে—‘কেন? এই যে এত মুখে খাচ্চিস!’ আমি আর লজ্জায় কথাটি কইতে পারলুম না।
ঠাকুরের অদ্বৈতভাবের গভীরতা
কী অদ্ভুত দেহবুদ্ধির অভাব! কী অপূর্ব অদ্বৈতজ্ঞানে অবস্থান! তখন ছয় মাস ধরে ঠাকুরের নিত্য আহার বোধ হয় চার-পাঁচ ছটাক বার্লি মাত্র, সেই অবস্থায় জগন্মাতা যেই বলেছেন, ‘এই যে এত মুখে খাচ্চিস’, অমনি “কী কুকর্ম করেছি, এই একটা ক্ষুদ্র শরীরকে ‘আমি’ বলেছি!” —ভেবে ঠাকুর লজ্জায় হেঁটমুখ ও নিরুত্তর হলেন। পাঠক, এ ভাব কি একটুও কল্পনায় আনতে পার?
ঠাকুরের সবরকম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া
কী অদ্ভুত ঠাকুরের দেখাই না আমাদের ভাগ্যে মিলেছে! জ্ঞান-ভক্তি, যোগ-কর্ম, পুরাতন-নবীন, সকলপ্রকার ধর্মভাবের কী অদৃষ্টপূর্ব সামঞ্জস্যই না তাঁর মধ্যে প্রত্যক্ষ করেছি! উপনিষদকার ঋষি বলেন, ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানী পুরুষ সর্বজ্ঞ ও সত্যসংকল্প হন। সংকল্প বা ইচ্ছা করামাত্রই বাহ্য জগতের সব পদার্থ, সব শক্তি তাঁর ইচ্ছা ঘাড় পেতে মেনে নেয় ও সেইভাবে পরিবর্তিত হয়। অতএব সেই পুরুষের নিজের শরীর-মন যে তেমন করবে এতে বিচিত্র কী আছে! উপনিষদকারের ওই কথার সত্যতা পরীক্ষা করা সাধারণ মানবের সাধ্যায়ত্ত নয়—তবে এ কথা বেশ বলা যেতে পারে যে, আমাদের ক্ষুদ্র শক্তিতে যতদূর পরীক্ষা করা সম্ভব, সব বিষয়ে অনুক্ষণ ঠাকুরকে আমরা যেভাবে পরীক্ষা করে নিতাম, তাতে তার বোধ হয় কিছু অভাব বা ত্রুটি হয়নি। ঠাকুর প্রতিবারই কিন্তু সেসব পরীক্ষায় হাসতে হাসতে অবলীলাক্রমে উত্তীর্ণ হয়ে যেন ব্যঙ্গ করেই আমাদের বলতেন, “এখনও অবিশ্বাস! বিশ্বাস কর্—পাকা করে ধর্—যে রাম, যে কৃষ্ণ হয়েছিল, সেই ইদানীং (নিজের শরীরটা দেখিয়ে) এ খোলটার ভিতর—তবে এবার গুপ্তভাবে আসা! যেমন রাজার ছদ্মবেশে নিজ রাজ্য-পরিদর্শন! যেমনি জানাজানি কানাকানি হয় অমনি সে সেখান থেকে সরে পড়ে—সেই রকম!”
ঠাকুরের ভাবকালে দৃষ্ট বিষয়গুলি বাহ্যজগতে সত্য হতে দেখা
ঠাকুরের জীবনের অনেক ঘটনা উপনিষদুক্ত সেই বিষয়ে আমাদের চোখ ফুটিয়ে দেয়। সাধারণত দেখা যায়, মানবের মনে যতপ্রকার ভাবের উদয় হয় সেগুলি প্রকৃতপক্ষে তারই ‘স্বসংবেদ্য’, অর্থাৎ এই সব ভাবের পরিমাণ, তীব্রতা ইত্যাদি সে নিজেই ঠিক ঠিক জানতে পারে। অন্যেরা কেবল ভাবের বাহ্যিক বিকাশ দেখে সেগুলি অনুমান করে মাত্র। ভাবসমাধির এই স্বসংবেদ্য প্রকৃতি (subjective nature) সকলেরই প্রত্যক্ষের অন্তর্ভুক্ত। সকলেই জানে ভাবগুলি অন্যান্য চিন্তার মতো মানসিক বিকার বা শক্তি-প্রকাশ মাত্র—মনেতেই সেগুলির উদয়, মনেতেই লয়; বাহ্যজগতে তার ছবি বা অনুরূপ প্রতিকৃতি দেখা ও দেখানো অসম্ভব। ঠাকুরের অনেক ভাবসমাধিতে কিন্তু তার বৈপরীত্য দেখা যায়।
ওই বিষয়ের দৃষ্টান্ত—পঞ্চবটীর বেড়া ইত্যাদি
ধরো— সাধনকালে ঠাকুরের স্বহস্তরোপিত পঞ্চবটীর চারাগাছগুলি ছাগল-গরুতে মুড়িয়ে খেয়েছে দেখে সেই জায়গার চারদিকে ঠাকুরের বেড়া দেওয়ার ইচ্ছা হল, আর তার কিছুক্ষণ পরেই গঙ্গায় বান ডেকে ওই বেড়া-নির্মাণের জন্য দরকারি যত কিছু জিনিসপত্র, কতকগুলি গরানের খুঁটি, বাখারি, নারকেলদড়ি, মায় একখানি কাটারি পর্যন্ত—সেখানে ভেসে এসে লাগল, এবং কালীবাড়ির ভর্তাভারি নামের মালির সাহায্যে তিনি সেই বেড়া দিলেন! অথবা ধরো—রাসমণির জামাতা মথুরানাথের সঙ্গে তর্কে তিনি বললেন, “ঈশ্বরের ইচ্ছায় সব হতে পারে—লাল ফুলের গাছে সাদা ফুলও হতে পারে”, মথুর তা অস্বীকার করলেন, আর পরদিনই ঠাকুর বাগানের জবাগাছের একটি ডালের দুটি ফ্যাকড়ায় তেমন দুটি ফুল দেখতে পেলেন ও ফুলসুদ্ধ সেই ডালটি ভেঙে এনে মথুরানাথকে দিলেন! অথবা ধরো—তন্ত্র বেদান্ত বৈষ্ণব ইসলাম প্রভৃতি যখন যে মতের সাধনা করারই অভিলাষ ঠাকুরের প্রাণে উদয় হয়েছে, তখনই সেই সেই মতের এক একজন সিদ্ধ ব্যক্তি দক্ষিণেশ্বর কালীবাড়িতে উপস্থিত হয়ে তাঁকে সেই সেই মতে দীক্ষিত করেছেন! অথবা ধরো—ঠাকুর ভক্তদের আহ্বান করলেন, আর তারা উপস্থিত হলে তাদের প্রত্যেককে চিনে গ্রহণ করলেন—এমন অনেক কথার উল্লেখ করা যেতে পারে। অনুধাবন করলে এই সব ঘটনায় দেখা যায় যে, ঠাকুরের অনেক মানসিক ভাব সাধারণ মানব-মনের ভাবগুলির মতো কেবলমাত্র মানসিক চিন্তা বা প্রকাশরূপেই পর্যবসিত ছিল না। বরং আমাদের অজানা কী এক নিয়মবশে সেগুলির দ্বারা বাহ্যজগতের অন্তর্গত ঘটনাবলি সেই অনুযায়ী পরিবর্তিত হত! আমরা এখানে এই সত্যের শুধু উল্লেখ করেই ছেড়ে দিলাম। তা থেকে পাঠকেরা যাঁর যেমন অভিরুচি তিনি তেমন আলোচনা ও অনুমানাদি করুন—ঘটনা কিন্তু সত্যিই সেরকম।
প্রত্যেক ভক্তের সঙ্গে ঠাকুরের বিভিন্ন ভাবের সম্বন্ধ
আগেই বলেছি, ঠাকুর নির্বিকল্পসমাধি-অবস্থার সময় ছাড়া অপর সব সময়ে ‘ভাবমুখে’ থাকতেন। এইজন্যই দেখা যায়, তিনি তাঁর কাছে আসা প্রত্যেক ভক্তের সঙ্গে এক-একটি ভিন্ন ভিন্ন ভাবের সম্বন্ধ স্থাপন করে বরাবর সেই সম্বন্ধ অক্ষুণ্ণ রেখেছিলেন। শ্রীশ্রীজগদম্বার হ্লাদিনী ও সন্ধিনী শক্তির বিশেষ বিকাশক্ষেত্রস্বরূপ যত স্ত্রীমূর্তির সঙ্গে ঠাকুরের আজীবন মাতৃ-সম্বন্ধের কথা এখন সাধারণের মধ্যে প্রসিদ্ধ। কিন্তু পুরুষভক্তদের প্রত্যেকের সঙ্গে তাঁর ওইরকম এক-একটি সম্বন্ধ থাকার কথা বোধ হয় সাধারণের এখনও জানা নেই। সেজন্য সে সম্বন্ধে কিছু বলা এখানে অপ্রাসঙ্গিক হবে না। সাধারণত ঠাকুর তাঁর ভক্তদের দুই থাকে বা শ্রেণিতে ভাগ করতেন—শিবাংশসম্ভূত ও বিষ্ণু-অংশোদ্ভূত। এই দুই শ্রেণির ভক্তদের প্রকৃতি, আচার-ব্যবহার, ভজনানুরাগ প্রভৃতি সব বিষয়ে পার্থক্য আছে বলতেন এবং নিজে তা সম্যক বুঝতে পারতেন—কিন্তু সেই পার্থক্য যে কী, তা বিশেষ করে পাঠককে বোঝানো আমাদের একপ্রকার সাধ্যাতীত।
ভক্তদের দুই শ্রেণি
অতএব সংক্ষেপে পাঠক এটুকুই বুঝে নিন যে, শিব ও বিষ্ণু-চরিত্র যেন দুটি আদর্শ ছাঁচ (type or model) এবং সেই দুই ভিন্ন ছাঁচে যেন ভক্তদের প্রত্যেকের মানসিক প্রকৃতি গঠিত—এই পর্যন্ত। এই সব ভক্তের সঙ্গে ঠাকুরের শান্ত দাস্য সখ্য বাৎসল্য প্রভৃতি সবরকম ভাবেরই সম্বন্ধ স্থাপিত ছিল—অবশ্য বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন ভাবের। যেমন, শ্রীযুত নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বলতেন, “নরেন্দর যেন আমার শ্বশুরঘর—(নিজেকে দেখিয়ে) এর ভেতর যেটা আছে সেটা যেন মাদি, আর (নরেন্দ্রকে দেখিয়ে) ওর ভেতর যেটা আছে সেটা যেন মদ্দা”; শ্রীযুত ব্রহ্মানন্দ স্বামী বা রাখাল মহারাজকে ঠিক ঠিক নিজের পুত্রস্থানীয় মনে করতেন—সন্ন্যাসী ও গৃহী বিশেষ বিশেষ ভক্তদের প্রত্যেকের সঙ্গে ঠাকুরের এরকম এক-একটা বিশেষ ভাব বা সম্বন্ধ ছিল এবং সাধারণ ভক্তমণ্ডলীর প্রত্যেকের প্রতি ঠাকুরের নারায়ণবুদ্ধি সর্বদা স্থির থাকায় তাদের সঙ্গে তিনি যে শান্তভাবের সম্বন্ধ রাখতেন, এ কথা বলা বাহুল্য।
ভক্তদের প্রকৃতি দেখে ঠাকুরের প্রত্যেকের সঙ্গে ভাব-সম্বন্ধ পাতানো
প্রত্যেক ভক্তের ভিতরকার প্রকৃতি দেখেই তার সঙ্গে ঠাকুরের সেরকম ভাব বা সম্বন্ধ স্থাপিত হত। কারণ ঠাকুর বলতেন, “মানুষগুলোর ভেতর কী আছে, তা সব দেখতে পাই; যেমন কাচের আলমারির ভেতর যা যা জিনিস থাকে সব দেখা যায়, সেই রকম।” যার যেমন প্রকৃতি সে তার বিপরীত আচরণ কখনোই করতে পারে না—কাজেই ভক্তদের কারও কখনও সাধ্য ছিল না যে ঠাকুরের সেই সম্বন্ধ বা ভাবের বিপরীতে যায় বা আচরণ করে। যদি কখনও কেউ অপর কারও দেখাদেখি বিপরীত ভাবের আচরণ করত তো ঠাকুর তাতে বিশেষ বিরক্ত হতেন ও তার ভুল বেশ করে বুঝিয়ে দিতেন। যেমন, শ্রীযুত গিরিশকে ঠাকুর ভৈরব বলতেন। একদিন দক্ষিণেশ্বরে কালিকামাতার মন্দিরে ভাবসমাধিতে তাঁকে সেই রূপে দেখেছিলেন। শ্রীযুত গিরিশের অনেক আবদার ও কঠিন ভাষা তিনি হেসে সহ্য করতেন—কারণ তাঁর ওইরকম ভাষার আবরণে অপূর্ব কোমল একান্ত-নির্ভরতার ভাব যে লুকিয়ে আছে তা তিনি দেখতে পেতেন। গিরিশের দেখাদেখি ঠাকুরের আর একজন প্রিয় ভক্ত একদিন সেরকম ভাষা ব্যবহার করায় ঠাকুর তার উপর বিশেষ বিরক্ত হন ও পরে তার ভুল তাকে বুঝিয়ে দেন। যাক এখন সেসব কথা, আমাদের বক্তব্য বিষয়ই বলে যাই।
ঠাকুর ভক্তদের কতভাবে ধর্মপথে অগ্রসর করাতেন
ভাবমুখে অবস্থিত ঠাকুর এভাবে স্ত্রী বা পুরুষ প্রত্যেক ভক্তের নিজ নিজ প্রকৃতিগত আধ্যাত্মিক ভাব সম্যক বুঝে তাদের সঙ্গে সেই ভাব অনুযায়ী একটা সপ্রেম সম্বন্ধ সর্বকালের জন্য পাতিয়ে রেখেছিলেন। সেই ভাব-সম্বন্ধের আশ্রয়ে তাদের প্রত্যেককে ভগবদ্দর্শনলাভের পথে যে কীভাবে কতরকমে অগ্রসর করিয়ে দিতেন, তার কিছু পরিচয় এখানে পাঠককে দিয়ে আমরা এ অধ্যায় শেষ করব। অদ্বৈতভাবভূমি থেকে নেমে এসেই ঠাকুর স্বয়ং সখ্য, বাৎসল্য ও মধুর-রসোপলব্ধির জন্য সাধনা করে সেই সেই ভাবের পরাকাষ্ঠা লাভ করেছিলেন। তার অনেকদিন পরে, যখন অনেক ভক্ত তাঁর কাছে এসেছেন, তখন একদিন ভাবাবস্থায় ঠাকুরের ইচ্ছা হয় ভক্তদেরও ভাবসমাধি হোক এবং জগদম্বার কাছে সে বিষয়ে প্রার্থনা করেন। তারপরই ভক্তদের মধ্যে কারও কারও সেরকম হতে থাকে। সেই ভাবাবস্থায় তাঁদের বাহ্যজগৎ ও দেহাদির বোধ কতকটা কমে যেত এবং ভিতরের কোনো একটি বিশেষ ভাবপ্রবাহ, যেমন—কোনো মূর্তিচিন্তা, এত পরিস্ফুট হত যে, তাঁরা দেখতে পেতেন সেই মূর্তি যেন জ্বলন্ত জীবন্তরূপে তাঁদের সামনে এসে হাসছেন, কথা বলছেন ইত্যাদি। প্রধানত ভজন-সংগীতাদি শুনলেই তাঁদের এমন হত।
ভক্তদের দেবদেবীর মূর্তিদর্শন
ঠাকুরের আর একদল ভক্ত ছিলেন যাঁদের সংগীতাদি শুনলে ওরকম হত না, কিন্তু ধ্যানাদি করার সময় দেবমূর্তি প্রভৃতির দর্শন হত। প্রথম প্রথম কেবলমাত্র দর্শনই হত, পরে ধ্যান যত গাঢ় বা গভীর হতে থাকত, তত সেই সব মূর্তির নড়াচড়া, কথা বলা ইত্যাদিও তাঁরা দেখতে পেতেন। আবার কেউ কেউ প্রথম প্রথম নানারকম দর্শনাদি করতেন, কিন্তু ধ্যান আরও গভীর হলে আর সেরকম দর্শনাদি হত না।
জনৈক ভক্তের বৈকুণ্ঠ-দর্শন
কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, শ্রীরামকৃষ্ণদেব এঁদের প্রত্যেকের দর্শন ও অনুভবাদির কথা শুনেই বুঝতেন, কে কোন ‘থাক’ বা শ্রেণির এবং কার পক্ষে কী প্রয়োজন এবং পরেই বা তাঁরা প্রত্যেকে কী দর্শনাদি করবেন। দৃষ্টান্তস্বরূপ আমরা এখানে একজনের কথাই বলি। আমাদের একটি বন্ধু[5] শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ পেয়ে ধ্যানাদি করতে আরম্ভ করলেন এবং প্রথম প্রথম ধ্যানের সময় ইষ্টমূর্তি নানাভাবে দর্শন করতে লাগলেন। যেমন যেমন দেখতেন, কয়েকদিন অন্তর দক্ষিণেশ্বরে এসে তা ঠাকুরকে জানাতেন। ঠাকুরও শুনে বলতেন, “বেশ হয়েছে”, অথবা “এরকম করিস” ইত্যাদি। পরে একদিন সেই বন্ধুটি ধ্যানের সময় দেখলেন, যতরকম দেবদেবীর মূর্তি একটি মূর্তির অঙ্গে মিশে গেল। ঠাকুরকে সে কথা নিবেদন করায় ঠাকুর বললেন, “যা, তোর বৈকুণ্ঠদর্শন হয়ে গেল। এর পর আর দর্শন হবে না।” আমাদের বন্ধু বলেন, “বাস্তবিকই তা-ই হল—ধ্যান করতে করতে কোনো মূর্তিই আর দেখতে পেতাম না। শ্রীভগবানের সর্বব্যাপিত্ব প্রভৃতি অন্য প্রকারের উচ্চ ভাবগুলি এসে হৃদয় অধিকার করে বসত। আমার তখন মূর্তিদর্শন করা বেশ লাগত, যাতে আবার সেরকম দর্শনাদি হয় তার চেষ্টাও খুব করতাম; কিন্তু করলে কী হবে, কিছুতেই আর কোনো মূর্তির দর্শন হত না!”
সাকারবাদীদের প্রতি ঠাকুরের উপদেশ
সাকারবাদী ভক্তদের বলতেন, “ধ্যান করবার সময় ভাববে, যেন মনকে রেশমের রশি দিয়ে ইষ্টের পাদপদ্মে বেঁধে রাখচ, যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে। রেশমের দড়ি বলছি কেন? —সে পাদপদ্ম যে বড় নরম। অন্য দড়ি দিয়ে বাঁধলে লাগবে তাই।”
রেশমের দড়ি ও ‘জ্যোৎ’ প্রদীপ
আবার বলতেন, “ধ্যান করবার সময় ইষ্টচিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয়? কতকটা মন সেইদিকে সর্বদা রাখবে। দেখেচ তো, দুর্গাপূজার সময় একটা যাগ-প্রদীপ জ্বালতে হয়। ঠাকুরের কাছে সর্বদা একটা জ্যোৎ (জ্যোতিঃ) রাখতে হয়, সেটাকে নিবতে দিতে নেই। নিবলে গেরস্তর অকল্যাণ হয়। সেইরকম হৃদয়পদ্মে ইষ্টকে এনে বসিয়ে তাঁর চিন্তারূপ যাগ-প্রদীপ সর্বদা জ্বেলে রাখতে হয়। সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে ভেতরে চেয়ে দেখতে হয়, সে প্রদীপটা জ্বলচে কিনা।”
ধ্যান করবার আগে মনটা ধুয়ে ফেলা
আবার বলতেন, “ওগো, তখন তখন ইষ্টচিন্তা করবার আগে ভাবতুম, যেন মনের ভেতরটা বেশ করে ধুয়ে দিচ্ছি! মনের ভেতর নানান আবর্জনা, ময়লা-মাটি (চিন্তা, বাসনা ইত্যাদি) থাকে কিনা? সেগুলো সব বেশ করে ধুয়ে ধেয়ে সাফ্ করে তার ভেতর ইষ্টকে এনে বসাচ্চি! —এই রকম করো!” ইত্যাদি।
সাকার বড় না নিরাকার বড়
শ্রীরামকৃষ্ণদেব এক সময়ে শ্রীভগবানের সাকার ও নিরাকারভাবচিন্তা-সম্বন্ধে আমাদের বলেন, “কেহ বা সাকার দিয়ে নিরাকারে পৌঁছায়, আবার কেহ বা নিরাকার দিয়ে সাকারে পৌঁছায়।” ঠাকুরের পরমভক্ত শ্রীযুক্ত গিরিশচন্দ্রের বাড়িতে বসে একদিন আমাদের এক বন্ধু[6] ঠাকুরকে জিজ্ঞাসা করেন—‘মহাশয়, সাকার বড় না নিরাকার বড়?’ তা শুনে ঠাকুর বলেন, “নিরাকার দু-রকম আছে, পাকা ও কাঁচা। পাকা নিরাকার উঁচু ভাব বটে; সাকার ধরে সে নিরাকারে পৌঁছুতে হয়। কাঁচা নিরাকারে চোখ বুজলেই অন্ধকার—যেমন ব্রাহ্মদের[7]।”
সাকার ও নিরাকারের সামঞ্জস্য
ঠাকুরের আর একদল ভক্তও ছিলেন, যাঁরা পাশ্চাত্য-শিক্ষার ফলে ওইরকম কাঁচা নিরাকার ধরে সাধনায় অগ্রসর হচ্ছিলেন। ঠাকুর তাঁদের নিষেধ করতেন ক্রীশ্চান পাদ্রীদের মতো সাকারভাব-চিন্তার নিন্দা করতে অথবা শ্রীভগবানের সাকারমূর্তি প্রভৃতি অবলম্বন করে যাঁরা সাধনায় অগ্রসর হচ্ছেন সেই ভক্তদের ‘পৌত্তলিক’, ‘অন্ধবিশ্বাসী’ ইত্যাদি বলে দ্বেষ করতে। বলতেন, “ওরে, তিনি সাকারও বটে আবার নিরাকারও বটে, আবার তা ছাড়া আরও কী তা কে জানে? সাকার কেমন জানিস—যেমন জল আর বরফ। জল জমেই বরফ হয়; বরফের ভিতরে বাহিরে জল। জল ছাড়া বরফ আর কিছুই নয়। কিন্তু দ্যাখ, জলের রূপ নেই (একটা কোন বিশেষ আকার নাই), কিন্তু বরফের আকার আছে। তেমনি ভক্তিহিমে অখণ্ড সচ্চিদানন্দসাগরের জল জমে বরফের মতো নানা আকার ধারণ করে।” শ্রীভগবানের সাকার নিরাকার উভয় ভাবের একসঙ্গে এক সময়ে সমাবেশ সম্ভবপর—এই ধারণা জন্মিয়ে ঠাকুরের এই দৃষ্টান্তটি যে কত লোকের মনে শান্তি দিয়েছে, তা বলবার নয়।
স্বামী বিবেকানন্দ ও অন্ধবিশ্বাস
এখানে আর একটি কথাও না বলে থাকতে পারছি না। ঠাকুরের কাঁচা নিরাকারবাদী ভক্তদলের ভিতর সর্বপ্রধান ছিলেন—শুধু সেই দলের কেন, ঠাকুর তাঁকে সব থাক বা শ্রেণির সব ভক্তের আগে আসন দিতেন—শ্রীযুত নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ। পাশ্চাত্যশিক্ষা ও ব্রাহ্মসমাজের প্রভাবে সাকারবাদীদের উপর তখন তাঁর একটু-আধটু কঠিন কটাক্ষ কখনও কখনও এসে পড়ত। তর্কের সময়েই সেই ভাবটি তাঁর মধ্যে বিশেষ লক্ষ করা যেত। ঠাকুর কিন্তু সময়ে সময়ে তাঁর সঙ্গে সাকারবাদী কোনো কোনো ভক্তের ঘোরতর তর্ক বাধিয়ে দিয়ে মজা দেখতেন। সেরকম তর্কে স্বামীজীর মুখের সামনে বড় একটা কেউ দাঁড়াতে পারতেন না এবং তাঁর তীক্ষ্ণ যুক্তির কাছে নিরুত্তর হয়ে কেউ কেউ মনে মনে ক্ষুণ্ণও হতেন। ঠাকুরও সে কথা অপরের কাছে অনেক সময় আনন্দের সঙ্গে বলতেন, “অমুকের কথাগুলো নরেন্দর সে দিন ক্যাঁচ্ ক্যাঁচ্ করে কেটে দিলে! —কী বুদ্ধি!” ইত্যাদি। সাকারবাদী গিরিশের সঙ্গে তর্কে কিন্তু স্বামীজীকে একদিন নিরুত্তর হতে হয়েছিল। সেদিন ঠাকুর শ্রীযুত গিরিশের বিশ্বাস আরও দৃঢ় ও পুষ্ট করার জন্যই যেন তাঁর পক্ষে ছিলেন বলে আমাদের বোধ হয়েছিল! সে যা হোক, স্বামী বিবেকানন্দ একদিন ঠাকুরের কাছে শ্রীভগবানে বিশ্বাস সম্বন্ধে কথাপ্রসঙ্গে সাকারবাদীদের বিশ্বাসকে ‘অন্ধবিশ্বাস’ বলে উল্লেখ করেন। ঠাকুর তার উত্তরে তাঁকে বলেন, “আচ্ছা, অন্ধবিশ্বাসটা কাকে বলিস আমায় বোঝাতে পারিস? বিশ্বাসের তো সবটাই অন্ধ; বিশ্বাসের আবার চক্ষু কী? হয় বল ‘বিশ্বাস’, আর নয় বল ‘জ্ঞান’। তা নয়, বিশ্বাসের ভেতর আবার কতকগুলো অন্ধ আর কতকগুলোর চোখ আছে—এ আবার কী রকম?” স্বামী বিবেকানন্দ বলতেন, “বাস্তবিকই সেদিন আমি ঠাকুরকে অন্ধবিশ্বাসের অর্থ বোঝাতে গিয়ে ফাঁপরে পড়েছিলাম। ও কথাটার কোনো অর্থই খুঁজে পাইনি। ঠাকুরের কথাই ঠিক বলে বুঝে সেদিন থেকে আর ও কথাটা বলা ছেড়ে দিয়েছি।”
নিরাকারবাদীদের প্রতি উপদেশ
কাঁচা নিরাকারবাদীদেরও ঠাকুর সাকারবাদীদের সঙ্গে সমান চোখে দেখতেন। তাদেরও বলে দিতেন, কীভাবে ধ্যান করলে উপকার হবে। বলতেন, “দ্যাখ্, আমি তখন তখন ভাবতুম, ভগবান যেন সমুদ্রের জলের মতো সব জায়গা পূর্ণ করে রয়েছেন, আর আমি যেন একটি মাছ—সেই সচ্চিদানন্দ-সাগরে ডুবছি, ভাসছি, সাঁতার দিচ্ছি! আবার কখনো মনে হতো আমি যেন একটি কুম্ভ, সেই জলে ডুবে রয়েছি, আর আমার ভিতরে বাহিরে সেই অখণ্ড সচ্চিদানন্দ পূর্ণ হয়ে রয়েছেন।”
ঠাকুরের নিজমূর্তি ধ্যান করতে উপদেশ
আবার বলতেন, “দ্যাখ্, ধ্যান করতে বসবার আগে একবার (নিজেকে দেখিয়ে) একে ভেবে নিবি। কেন বলছি? —এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কি না? একে ভাবলেই তাঁকে (ভগবানকে) মনে পড়ে যাবে। ঐ যে গো, যেমন গরুর পাল দেখলেই রাখালকে মনে পড়ে, ছেলেকে দেখলেই তার বাপের কথা মনে পড়ে, উকিল দেখলেই কাছারির কথা মনে পড়ে, সেই রকম—বুঝলে কি না? মন নানান জায়গায় ছড়িয়ে থাকে কি না, একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে, আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে—এইজন্যে বলছি।”
‘কাঁচা আমি ও পাকা আমি’; একটা ভাব পাকা করে ধরলে তবে ঈশ্বরের উপর জোর চলে
আবার বলতেন, “যাঁকে ভাল লাগে, যে ভাব ভাল লাগে, একজনকে বা একটাকে পাকা করে ধর তবে তো আঁট হবে। ‘সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে?’ —ভাব চাই। একটা ভাব নিয়ে তাঁকে ডাকতে হয়। ‘যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। ভাবলে ভাবের উদয় হয়।’ —ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই—তবে তো হবে। তবে কী জান? তাঁর (ঈশ্বরের) সঙ্গে একটু সম্বন্ধ পাতানো—এরই নাম। সেইটে সর্বক্ষণ মনে রাখা, যেমন—তাঁর দাস আমি, তাঁর সন্তান আমি, তাঁর অংশ আমি; এই হচ্ছে পাকা আমি, বিদ্যার আমি—এইটি খেতে শুতে বসতে সব সময় স্মরণ রাখা! আর এই যে বামুন আমি, কায়েৎ আমি, অমুকের ছেলে আমি, অমুকের বাপ আমি—এসব হচ্চে অবিদ্যার আমি; এগুলোকে ছাড়তে হয়, ত্যাগ করতে হয়—ওগুলোতে অভিমান-অহঙ্কার বাড়িয়ে বন্ধন এনে দেয়। স্মরণ-মননটা সর্বদা রাখা চাই, খানিকটে মন সব সময় তাঁর দিকে ফিরিয়ে রাখবে—তবে তো হবে। একটা ভাব পাকা করে ধরে তাঁকে আপনার করে নিতে হবে, তবে তো তাঁর উপর জোর চলবে। এই দ্যাখ না, প্রথম প্রথম একটু-আধটু ভাব যতক্ষণ, ততক্ষণ ‘আপনি, মশাই’ ইত্যাদি লোকে বলে থাকে; সেই ভাব যেই বাড়ল, অমনি ‘তুমি তুমি’—আর তখন ‘আপনি টাপনি’-গুলো বলা আসে না; যেই আরও বাড়লো, আর তখন ‘তুমি টুমি’-তেও মানে না—তখন ‘তুই মুই’! তাঁকে আপনার হতে আপনার করে নিতে হবে, তবে তো হবে।”
নষ্ট মেয়ের দৃষ্টান্ত
“যেমন নষ্ট মেয়ে, পরপুরুষকে প্রথম প্রথম ভালবাসতে শিখচে—তখন কত লুকোলুকি, কত ভয়, কত লজ্জা, তারপর যেই ভাব বেড়ে উঠল, তখন আর কিছু নেই! একেবারে তার হাত ধরে সকলের সামনে কুলের বাইরে এসে দাঁড়াল! তখন যদি সে পুরুষটা তাকে আদর-যত্ন না করে, ছেড়ে যেতে চায়, তো তার গলায় কাপড় দিয়ে টেনে ধরে বলে ‘তোর জন্যে পথে দাঁড়ালুম, এখন তুই খেতে দিবি কি না বল।’ সেই রকম, যে ভগবানের জন্য সব ছেড়েছে, তাঁকে আপনার করে নিয়েচে সে তাঁর ওপর জোর করে বলে, ‘তোর জন্যে সব ছাড়লুম, এখন দেখা দিবি কিনা—বল’!”
এজন্মে ঈশ্বরলাভ করব—মনে এই জোর রাখা চাই
কারও ভগবদনুরাগে জোর কমেছে দেখলে বলতেন, “এ জন্মে না হোক পরজন্মে পাব, ও কী কথা? অমন ম্যাদাটে ভক্তি করতে নেই। তাঁর কৃপায় তাঁকে এ জন্মেই পাব, এখনি পাব—মনে এইরকম জোর রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, তা না হলে কি হয়? ওদেশে চাষীরা সব গরু কিনতে গিয়ে গরুর ল্যাজে আগে হাত দেয়। কতকগুলো গরু আছে ল্যাজে হাত দিলে কিছু বলে না, গা এলিয়ে শুয়ে পড়ে—অমনি তারা বোঝে সেগুলো ভাল নয়। আর যেগুলোর ল্যাজে হাত দেবামাত্র তিড়িং মিড়িং করে লাফিয়ে ওঠে—অমনি বোঝে এইগুলো খুব কাজ দেবে—ঐগুলোর ভিতর থেকে পছন্দ করে কেনে।
এক এক করে বাসনাত্যাগ করা চাই
ম্যাদাটে ভাব ভাল নয়; জোর নিয়ে এসে, বিশ্বাস করে বল—তাঁকে পাবই পাব, এখনি পাব—তবে তো হবে।” আবার বলতেন, “এ দিককার বাসনাকামনাগুলো সব এক এক করে ছাড়, তবে তো হবে। কোথা ওগুলোকে সব এক এক করে ছাড়বে—না আরও বাড়াতে চললে! —তাহলে কেমন করে হবে?”
চার করে মাছ ধরার মতো অধ্যবসায় চাই
ধ্যান-ভজন, প্রার্থনাদি করে শ্রীভগবানের সাড়া না পেয়ে যখন মন নিরাশার সাগরে ভাসত, তখন সাকারবাদী নিরাকারবাদী উভয় দলকেই বলতেন, “মাছ ধরতে গেলে প্রথম চার করতে হয়। হয়তো চার করে ছিপ ফেলে বসেই আছে—মাছের কোন চিহ্নই দেখা যাচ্ছে না, মনে হচ্চে তবে বুঝি পুকুরে মাছ নেই। তারপর হয়তো একদিন দেখলে একটা বড় মাছ ঘাই দিলে—অমনি বিশ্বাস হলো পুকুরে মাছ আছে। তারপর হয়তো একদিন ছিপের ফাতনাটা নড়ল—অমনি মনে হলো চারে মাছ এয়েছে। তারপর হয়তো একদিন ফাতনাটা ডুবল, তুলে দেখলে—মাছ টোপ খেয়ে পালিয়েছে; আবার টোপ গেঁথে ছিপ ফেলে খুব সাবধানে বসে রইল। তারপর একদিন যেমন টোপ খেয়েছে, অমনি টেনে তুলতেই মাছ আড়ায় উঠল।”
ভগবান ‘কানখড়্কে’—সব শোনেন
কখনও বলতেন, “তিনি খুব কানখড়্কে, সব শুনতে পান গো। যত ডেকেছ সব শুনেছেন। একদিন না একদিন দেখা দেবেনই দেবেন। অন্ততঃ মৃত্যুসময়েও দেখা দেবেন।” কাউকে বলতেন—“সাকার কি নিরাকার যদি ঠিক করতে না পারিস তো এই বলে প্রার্থনা করিস যে, ‘হে ভগবান, তুমি সাকার কি নিরাকার আমি বুঝতে পারি না; তুমি যাহাই হও আমায় কৃপা কর, দেখা দাও’।” আবার কাউকে বলতেন—“সত্য সত্যই ঈশ্বরের দেখা পাওয়া যায় রে, এই যেমন তোতে আমাতে এখন বসে কথা কইচি এইরকম করে তাঁকে দেখা যায়, তাঁর সঙ্গে কথা কহা যায়—সত্য বলছি, মাইরি বলছি!”
গভীর ভাব-প্রবণতার সঙ্গে ঠাকুরের সব বিষয়ে দৃষ্টি রাখা
আর এক কথা—চব্বিশ ঘণ্টা ‘ভাবমুখে’ থাকলে ভাবুকতা এত বেড়ে যায় যে, তাকে দিয়ে আর সংসারের অপর কোনো কাজ চলে না, অথবা সে সংসারের ছোটখাটো ব্যাপার আর মনে রাখতে পারে না—সর্বত্র আমরা এরকমই দেখতে পাই। তার দৃষ্টান্ত—ধর্ম-জগতে তো কথাই নেই, বিজ্ঞান, রাজনীতি বা অন্য সব ক্ষেত্রেও বিশেষ মনস্বী পুরুষদের জীবনালোচনায় মেলে। দেখা যায়, তাঁরা হয়তো নিজের অঙ্গসংস্কার বা নিত্যব্যবহার্য জিনিসপত্র ঠিক জায়গায় রাখা ইত্যাদি সামান্য বিষয়ে একেবারেই অপটু ছিলেন। ঠাকুরের জীবনে কিন্তু দেখতে পাই যে, অত বেশি ভাবপ্রবণতার ভিতরেও তাঁর এমন সব সামান্য বিষয়েরও হুঁশ থাকত। যখন থাকত না তখন নিজের দেহ বা জগৎ-সংসারের কোনো বস্তু বা ব্যক্তিরই হুঁশ থাকত না—যেমন সমাধিতে, আর যখন থাকত, তখন সব বিষয়েরই থাকত! এ কম আশ্চর্যের বিষয় নয়! এখানে আমরা সেরকম দু-একটি মাত্র দৃষ্টান্ত দেব।
ওই বিষয়ে দৃষ্টান্ত
একদিন ঠাকুর দক্ষিণেশ্বর থেকে বলরামবাবুর বাড়ি চলেছেন; সঙ্গে নিজের ভাইপো রামলাল ও শ্রীযুত যোগানন্দ স্বামী যাচ্ছেন। সকলে গাড়িতে উঠলেন। গাড়ি ছেড়ে বাগানের ‘গেট’ পর্যন্ত এসেছে মাত্র, ঠাকুর শ্রীযুত যোগানন্দকে জিজ্ঞাসা করলেন—“কিরে, নাইবার কাপড় গামছা এনেছিস তো?” —তখন সকাল।
শ্রীযুত যোগেন—না মশাই, গামছা এনেছি, কাপড়খানা আনতে ভুল হয়েছে। তা তারা (বলরামবাবু) আপনার জন্য একখানা নূতন কাপড় দেখে-শুনে দেবে এখন।
ঠাকুর— ও কী তোর কথা? লোকে বলবে, কোথা থেকে একটা হাবাতে এসেছে। তাদের কষ্ট হবে, আতান্তরে পড়বে—যা, গাড়ি থামিয়ে নেবে গিয়ে নিয়ে আয়।
কাজেই যোগীন স্বামীজী তাই করলেন।
ঠাকুর বলতেন—ভাল লোক, লক্ষ্মীমন্ত লোক বাড়িতে এলে সকল বিষয়ে কেমন সুসার হয়ে যায়, কাকেও কিছুতে বেগ পেতে হয় না। আর হাবাতে হতচ্ছাড়াগুলো এলে সকল বিষয়ে বেগ পেতে হয়; যে দিন ঘরে কিছু নেই, তার জন্য গেরস্তকে বিশেষ কষ্ট পেতে হবে, ঠিক সেই দিনেই সে এসে উপস্থিত হয়।
ওই বিষয়ে ২য় দৃষ্টান্ত
শ্রীযুত প্রতাপ হাজরা নামের এক ব্যক্তি ঠাকুরের সময়ে দক্ষিণেশ্বরে অনেক দিন সাধুর ভাবে কাটাতেন। আমরা সকলে এঁকে হাজরা মহাশয় বলে ডাকতাম। ইনিও মধ্যে মধ্যে ঠাকুরের কলিকাতার ভক্তদের কাছে আসার সময় তাঁর সঙ্গে আসতেন। একবার এভাবে এসে ফেরার সময় নিজের গামছাখানি ভুলে কলিকাতায় ফেলে যান। দক্ষিণেশ্বরে পৌঁছে সে কথা জানতে পেরে ঠাকুর তাঁকে বললেন—“ভগবানের নামে আমার পরনের কাপড়ের হুঁশ থাকে না, কিন্তু আমি তো একদিনও নিজের গামছা বা বেটুয়া কলিকাতায় ভুলে আসি না। আর তোর একটু জপ করে এত ভুল!”
ওই বিষয়ে ৩য় দৃষ্টান্ত—শ্রীশ্রীমার প্রতি উপদেশ
শ্রীশ্রীমাকে ঠাকুর শিখিয়েছিলেন—“গাড়িতে বা নৌকায় যাবার সময় আগে গিয়ে উঠবে, আর নামবার সময় কোন জিনিসটা নিতে ভুল হয়েছে কিনা দেখে শুনে সকলের শেষে নামবে।” ঠাকুরের অতি সামান্য বিষয়েও এত নজর ছিল।
ওই বিষয়ে শেষ কথা
এভাবে ‘ভাবমুখে’ নিরন্তর থেকেও ঠাকুরের দরকারি সব বিষয়ের হুঁশ থাকত; যে জিনিসটি যেখানে রাখতেন তা সর্বদা সেইখানেই রাখতেন, নিজের কাপড়-চোপড়, বেটুয়া প্রভৃতি সব নিত্যব্যবহার্য জিনিসের নিজে খোঁজ রাখতেন, কোথাও যাওয়া-আসার সময় দরকারি সব জিনিসপত্র আনতে ভুল হয়েছে কিনা খোঁজ নিতেন এবং ভক্তদের মানসিক ভাবগুলির যেমন পুঙ্খানুপুঙ্খ সন্ধান রাখতেন, তেমনি তাদের সংসারের সব খবর রেখে কিসে তাদের বাহ্যিক সব দিকও সাধনার অনুকূল হতে পারে সে বিষয়ে নিরন্তর চিন্তা করতেন!
ঠাকুর ভাবরাজ্যের মূর্তিমান রাজা
ঠাকুরের কথা অনুধাবন করলে বোঝা যায়, তিনি যেন সর্বপ্রকার ভাবের মূর্তিমান সমষ্টি ছিলেন। ভাবরাজ্যের অত বড় রাজা মানবজগতে আর কখনও দেখা যায়নি। ভাবময় ঠাকুর ‘ভাবমুখে’ অবস্থান করে নির্বিকল্প অদ্বৈতভাব থেকে সবিকল্প সকল প্রকার ভাবের পূর্ণ প্রকাশ নিজে দেখিয়ে সব শ্রেণির ভক্তদের নিজ নিজ পথের ও গন্তব্যস্থলের সংবাদ দিয়ে অন্ধকারে অপূর্ব জ্যোতি, নিরাশায় অদৃষ্টপূর্ব আশা এবং সংসারের নিদারুণ দুঃখকষ্টের ভিতর নিরুপম শান্তি এনে দিতেন। ঠাকুর যে সকলের কী ভরসার স্থল ছিলেন তা বলে বোঝানো দায়। মনোরাজ্যে তাঁর যে কী প্রবল প্রতাপ দেখেছি তা বলা অসম্ভব।
মানব-মনের উপর তাঁর অপূর্ব আধিপত্য—সে বিষয়ে স্বামী বিবেকানন্দের কথা
স্বামী বিবেকানন্দ বলতেন—“মনের বাহিরের জড়-শক্তিসকলকে কোন উপায়ে আয়ত্ত করে কোন একটা অদ্ভুত ব্যাপার (miracle) দেখানো বড় বেশি কথা নয়—কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙত, পিট্ত, গড়ত, স্পর্শমাত্রেই নূতন ছাঁচে ফেলে নূতন ভাবে পূর্ণ করত, এর বাড়া আশ্চর্য ব্যাপার (miracle) আমি আর কিছুই দেখি না!”
[1] শ্রীযুত গোপালচন্দ্র ঘোষ।
[2] বিবেকচূড়ামণি, ৪০৮-০৯।
[3] যোগশাস্ত্রে এই ছয়টি মেরুচক্রের নাম ও বিশেষ বিশেষ অবস্থানস্থল পর পর নির্দিষ্ট আছে। যেমন – মেরুদণ্ডের শেষভাগে ‘মূলাধার’ (১), তার উপরে লিঙ্গমূলে ‘স্বাধিষ্ঠান’ (২), তার উপরে নাভিস্থলে ‘মণিপুর’ (৩), তার উপরে হৃদয়ে ‘অনাহত’ (৪), তার উপরে কণ্ঠে ‘বিশুদ্ধ’ (৫), তার উপরে ভ্রূমধ্যে ‘আজ্ঞা’ (৬), অবশ্য এই ছয়টি চক্রই মেরুদণ্ডের ভিতরের সুষুম্না পথেই রয়েছে – অতএব ‘হৃদয়’ ‘কণ্ঠ’ ইত্যাদি শব্দে তার বিপরীতে অবস্থিত মেরুর ভিতরের স্থানই বুঝতে হবে।
[4] স্বামী তুরীয়ানন্দ।
[5] স্বামী অভেদানন্দ।
[6] শ্রীযুত দেবেন্দ্রনাথ বসু।
[7] সত্যের অনুরোধে এ কথাটি আমরা বললাম বলে কেউ যেন মনে না করেন, ঠাকুর বর্তমান ব্রাহ্মসমাজ বা ব্রহ্মজ্ঞানীদের নিন্দা করতেন। কীর্তনের পর যখন সব সম্প্রদায়ের সব ভক্তকে প্রণাম করতেন, তখন ‘আধুনিক ব্রহ্মজ্ঞানীদের প্রণাম’ – এ কথাটি তাঁকে বার বার আমরা বলতে শুনেছি। ব্রাহ্মসমাজের সুবিখ্যাত নেতা ভক্তপ্রবর কেশবই সর্বপ্রথম ঠাকুরের কথা কলিকাতার জনসাধারণের মধ্যে প্রচার করেন, এ কথা সকলেই জানেন এবং ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের মধ্যে শ্রীবিবেকানন্দ-প্রমুখ কয়েকজন ব্রাহ্মসমাজের কাছে চিরঋণী, এ কথাও তাঁরা মুক্তকণ্ঠে স্বীকার করেন।
আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনমাশ্চর্যবদ্বদতি তথৈব চান্যঃ।
আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ॥
– গীতা, ২।২৯
ঠাকুর, ‘গুরু’ ‘বাবা’ বা ‘কর্তা’ বলে সম্বোধিত হলে বিরক্ত হতেন। তবে গুরুভাব তাঁর মধ্যে কীভাবে সম্ভব?
ঠাকুরকে যাঁরা দু-চারবার মাত্র দেখেছেন অথবা যাঁরা তাঁর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ হননি, উপর উপর দেখেছেন মাত্র, তাঁরা গুরুভাবে ভক্তদের সঙ্গে ঠাকুরের লীলার কথা কারও মুখে শুনতে পেলে একেবারে অবাক হয়ে যান। ভাবেন, ‘লোকটা সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলছে।’ আবার যখন দেখেন অনেকে এই ভাবের কথা বলছে তখনও মনে করেন, “এরা সব একটা মতলব করে দল পাকিয়েচে, আর শ্রীরামকৃষ্ণকে ঠাকুর করে তুলচে; তিনশ তেত্রিশ কোটির ওপর আবার একটা বাড়াতে চলেচে! কেন রে বাপু, অতগুলো ঠাকুরেও কি তোদের শানে না? যাকে ইচ্ছা, যতগুলো ইচ্ছা, ওরি ভেতর থেকে নে না—আবার একটা বাড়ানো কেন? কী আশ্চর্য এরা একবার ভাবেও না গা যে, মিথ্যা কথাগুলো ধরা পড়লে অমন পবিত্র লোকটার উপরে লোকের ভক্তি একেবারে চটে যাবে! আমরাও তো তাঁকে দেখেচি! —সকলের কাছে নিচু, নম্রভাব—একেবারে যেন মাটি, যেন সকলের চাইতে ছোট—এতটুকু অহঙ্কার নাই! তারপর একথা তো তোরাও বলিস, আর আমরাও দেখেচি যে, ‘গুরু’ কি ‘বাবা’ কি ‘কর্তা’ বলে তাঁকে কেউ ডাকলে তিনি একেবারে সইতেই পারতেন না; বলে উঠতেন, ‘ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা—আমি হীনের হীন, দাসের দাস, তোমার গায়ের একগাছি ছোট রোমের সমান—একগাছি বড়র সমানও নই!’ —বলেই হয়তো আবার তার পায়ের ধুলো তুলে নিজের মাথায় দিতেন! এমন দীনভাব কোথাও কেউ কি দেখেচে? আর সেই লোককে কিনা এরা ‘গুরু’, ‘ঠাকুর’—যা নয় তাই বলচে, যা নয় তাই করচে!”
সর্বভূতে নারায়ণ-বুদ্ধি স্থির থাকায় সাধারণ অবস্থায় ঠাকুরের দাসভাব
এরকম অনেক বাদানুবাদ চলা অসম্ভব নয় বলেই আমরা ঠাকুরের গুরুভাব-সম্বন্ধে যা দেখেছি এবং শুনেছি তার কিছু বলতে প্রবৃত্ত হলাম। কারণ বাস্তবিকই ঠাকুর যখন সাধারণভাবে থাকতেন, তখন আব্রহ্মস্তম্বপর্যন্ত সর্বভূতে ঠিক ঠিক নারায়ণ-বুদ্ধি স্থির রেখে মানুষের তো কথাই নেই, সব প্রাণীরই ‘দাস আমি’ এই ভাব নিয়ে থাকতেন; বাস্তবিকই তখন তিনি নিজেকে হীনের হীন, দীনের দীন জ্ঞান করে সকলের পদধূলি গ্রহণ করতেন; এবং বাস্তবিকই সে সময় তিনি ‘গুরু’, ‘কর্তা’ বা ‘পিতা’ বলে সম্বোধিত হলে সইতে পারতেন না।
কিন্তু দিব্য-ভাবাবেশে তাঁর মধ্যে গুরুভাবের লীলা নিত্য দেখা যেত। ঠাকুরের তখনকার ব্যবহারে ভক্তদের কী মনে হত
কিন্তু সাধারণ ভাবে থাকার সময় এমন করলেও ঠাকুরের গুরুভাবের অপূর্ব লীলার কথা কেমন করে অস্বীকার করি? সে অদৃষ্টপূর্ব দিব্যভাবাবেশে যখন তিনি যন্ত্রস্বরূপ হয়ে কাউকে স্পর্শ করামাত্রই সমাধি, গভীর ধ্যান বা ভগবদানন্দের অভূতপূর্ব নেশার ঝোঁকে[1] নিমগ্ন করতেন, অথবা কী এক আধ্যাত্মিক শক্তিবলে তার মনের তমোগুণ বা মলিনতা এতটা টেনে নিতেন যে, সে তৎক্ষণাৎ মনের এমন একটা একাগ্রতা, পবিত্রতা ও আনন্দ লাভ করত, যা আগে কখনও অনুভব করেনি, এবং নিজেকে কৃতার্থ জ্ঞান করে ঠাকুরের চরণতলে চিরকালের জন্য আত্মবিক্রয় করত—তখন তাঁকে দেখলেই মনে হত, এ ঠাকুর আগের সেই দীনের দীন ঠাকুর নন; এঁর মধ্যে কী একটা ঐশ্বরিক শক্তি স্বেচ্ছায় বা লীলায় প্রকটিত হয়ে এঁকে আত্মহারা করে এমন করাচ্ছে; ইনি বাস্তবিকই অজ্ঞানতিমিরান্ধ, ত্রিতাপে তাপিত, ভবরোগগ্রস্ত অসহায় মানবের গুরু, ত্রাতা এবং শ্রীভগবানের পরম পদের দর্শয়িতা! ভক্তেরা ঠাকুরের এই অবস্থাকে লক্ষ্য করেই গুরু, কৃপাময়, ভগবান প্রভৃতি শব্দ ব্যবহার করেন। আপাতবিরুদ্ধ বলে বোধ হলেও যথার্থ দীনভাব এবং এই দিব্য ঐশ্বরিক গুরুভাব যে একসঙ্গে একজনের মধ্যে অবস্থান করতে পারে, তা আমরা বর্তমান যুগে শ্রীভগবান রামকৃষ্ণে যথার্থই দেখেছি; এবং দেখেছি বলেই এ দুটি কেমন করে একসঙ্গে একই মনে থাকে সে বিষয়ে যা বুঝেছি তা-ই এখন পাঠককে উপহার দিতে চেষ্টা করছি।
ভাবময় ঠাকুরের ভাবের ইতি নেই
এ চেষ্টা করলেও যতটুকু বুঝেছি ততটুকুও ঠিক ঠিক বোঝাতে পারব কি না জানি না; আর সম্যক বোঝা বা বোঝানো, লেখক ও পাঠক উভয়েরই সাধ্যাতীত; কারণ ভাবমুখে অবস্থিত ঠাকুরের ভাবের ইয়ত্তা নেই। ঠাকুর বলতেন, “শ্রীভগবানের ‘ইতি’ নাই।” আমরা যাঁকে প্রত্যক্ষ করেছি, এই লোকোত্তর পুরুষেরও তেমনই ভাবের ‘ইতি’ নেই।
সাধারণের বিশ্বাস, ঠাকুর ভক্ত ছিলেন, জ্ঞানী ছিলেন না। ‘ভাবমুখে থাকা’ কখন ও কীভাবে সম্ভব, তা বুঝলে সে কথা আর বলা চলে না
সচরাচর লোকে ঠাকুর ‘ভাবমুখে’ থাকতেন শুনলেই ভেবে বসে যে, তিনি জ্ঞানী ছিলেন না। ভগবদনুরাগ ও বিরহে মনে যে সুখদুঃখাদি ভাব আসে, তা-ই নিয়ে সদা সর্বক্ষণ থাকতেন। কিন্তু ‘ভাবমুখে’ থাকাটি যে কী ব্যাপার বা কেমন অবস্থায় সেটি সম্ভব, তা যদি আমরা বুঝতে পারি তবে বর্তমান বিষয়টি বুঝতে পারব; সেজন্য ‘ভাবমুখে থাকা’ অবস্থাটির সংক্ষিপ্ত আলোচনা এখানে একবার আর এক প্রকারে করে নেওয়া যাক। পাঠক মনে মনে ভেবে নিন—তিন দিনের সাধনে ঠাকুরের নির্বিকল্প সমাধি হল।
প্র— নির্বিকল্প সমাধিটি কী?
উ— মনকে একেবারে সংকল্প-বিকল্পরহিত অবস্থায় আনা।
প্র— সংকল্প-বিকল্প কাকে বলে?
উ— বাহ্য জগতের রূপরসাদি বিষয়গুলির জ্ঞান বা অনুভব, সুখদুঃখাদি ভাব, কল্পনা, বিচার, অনুমান প্রভৃতি মানসিক ক্রিয়া এবং ইচ্ছা বা ‘এটা করব’, ‘ওটা বুঝব’, ‘এটা ভোগ করব’, ‘ওটা ত্যাগ করব’ ইত্যাদি মনের সমস্ত বৃত্তিকে।
‘আমি’-বোধাশ্রয়ে মানসিক বৃত্তিসমূহের উদয়। তার আংশিক লোপে সবিকল্প ও পূর্ণ লোপে নির্বিকল্প সমাধি হয়। সমাধি, মূর্ছা ও সুষুপ্তির প্রভেদ
প্র— বৃত্তিগুলি কোন জিনিসটা থাকলে তবে উঠতে পারে?
উ— ‘আমি’ ‘আমি’ এই জ্ঞান বা বোধ। ‘আমি’-বোধ যদি চলে যায় বা কিছুক্ষণের জন্য একেবারে বন্ধ হয়ে যায়, তবে সে সময়ের মতো কোনো বৃত্তিই আর মনে খেলা বা রাজত্ব করতে পারে না।
প্র— মূর্ছা বা গভীর নিদ্রার সময়েও তো ‘আমি’-বোধ থাকে না—তবে কি নির্বিকল্প সমাধিটা সেরকম একটা কিছু?
উ— না; মূর্ছা বা সুষুপ্তিতে ‘আমি’-বোধ ভিতরে ভিতরে থাকে, তবে মন যে মস্তিষ্করূপ (brain) যন্ত্রটার সাহায্যে ‘আমি’ ‘আমি’ করে, সেটা কিছুক্ষণের জন্য কতকটা জড়ভাবাপন্ন হয় বা চুপ করে থাকে, এইটুকুই—ভিতরে বৃত্তিসমূহ গজগজ করতে থাকে—ঠাকুর যেমন দৃষ্টান্ত দিতেন, “পায়রাগুলো মটর খেয়ে গলা ফুলিয়ে বসে আছে বা বক-বকম্ করে আওয়াজ করছে—তুমি মনে করচ তাদের গলার ভিতরে কিছুই নাই—কিন্তু যদি গলায় হাত দিয়ে দেখ তো দেখবে মটর গজগজ করচে!”
প্র— মূর্ছা বা সুষুপ্তিতে যে ‘আমি’-বোধটা এভাবে থাকে তা বুঝব কীভাবে?
উ— ফল দেখে; যেমন—সে সময়েও হৃদয়ের স্পন্দন, হাতের নাড়ি, রক্তসঞ্চালন প্রভৃতি বন্ধ হয় না—এই সব শারীরিক ক্রিয়াও ‘আমি’-বোধটাকে আশ্রয় করে হয়; দ্বিতীয় কথা, মূর্ছা ও সুষুপ্তির বাহ্যিক লক্ষণ কতকটা সমাধির মতো হলেও এসব অবস্থা থেকে মানুষ যখন আবার সাধারণ বা জাগ্রত অবস্থায় আসে, তখন তার মনে জ্ঞান ও আনন্দের মাত্রা আগের মতোই থাকে, কিছুমাত্র বাড়ে বা কমে না—কামুকের যেমন কাম তেমনি থাকে, ক্রোধীর যেমন ক্রোধ তেমনি থাকে, লোভীর লোভ সমান থাকে ইত্যাদি।
সমাধি ফল—জ্ঞান ও আনন্দের বৃদ্ধি এবং ভগবদ্দর্শন
নির্বিকল্প সমাধির অবস্থা লাভ হলে কিন্তু সেই সব বৃত্তি আর মাথা তুলতে পারে না; অপূর্ব জ্ঞান ও অসীম আনন্দ দেখা দেয় এবং জগৎকারণ ভগবানের সাক্ষাৎ দর্শনে মনে আর পরকাল আছে কি না, ভগবান আছেন কি না—এই সব সংশয়-সন্দেহ ওঠে না।
প্র— আচ্ছা বুঝলাম—ঠাকুরের নির্বিকল্প সমাধিতে কিছুক্ষণের জন্য ‘আমি’-বোধের একেবারে লয় হল—তারপর?
উ— তারপর, এভাবে ‘আমি’-বোধটার লোপ হয়ে কারণরূপিণী শ্রীশ্রীজগন্মাতার যে সাক্ষাৎ দর্শন কিছুক্ষণের জন্য হল, তাতে তৃপ্ত না হয়ে ঠাকুর সদা-সর্বক্ষণ সেই অবস্থায় থাকার চেষ্টা করতে লাগলেন।
ঠাকুরের ছয় মাস নির্বিকল্প সমাধিতে থাকার সময়ের দর্শন ও অনুভব
প্র— সেই চেষ্টার ফলে ঠাকুরের মনের কেমন অবস্থা হল এবং কীরকম লক্ষণই বা শরীরে প্রকাশ পেল?
উ— কখনও ‘আমি’-বোধের লোপ হয়ে শরীরে মৃতব্যক্তির লক্ষণগুলি প্রকাশ পেয়ে ভিতরে জগদম্বার পূর্ণ বাধামাত্রশূন্য সাক্ষাৎ দর্শন—আবার কখনও অত্যল্পমাত্র ‘আমি’-বোধ উদিত হয়ে শরীরে জীবিতের লক্ষণ একটু-আধটু প্রকাশ পাওয়া ও সত্ত্বগুণের অতিশয় আধিক্যে শুদ্ধ স্বচ্ছ পবিত্র মন-রূপ ব্যবধান বা পর্দার ভিতর দিয়ে শ্রীশ্রীজগদম্বার কিঞ্চিৎ বাধাযুক্ত দর্শন! —এভাবে কখনও ‘আমি’-বোধের লোপ, মনের বৃত্তিগুলির একেবারে লয় ও শ্রীশ্রীজগন্মাতার পূর্ণ দর্শন; আবার কখনও ‘আমি’-বোধের একটু উদয়, মনের বৃত্তিগুলির ঈষৎ প্রকাশ ও সঙ্গে সঙ্গে শ্রীশ্রীজগদম্বার পূর্ণ দর্শন ঈষৎ আবরিত হওয়া। এমন বার বার হতে লাগল।
প্র— কতদিন ধরে ঠাকুর এই চেষ্টা করেছিলেন?
উ— নিরন্তর ছয় মাস ধরে।
‘আমি’-বোধের সম্পূর্ণ লোপে সেই সময়ে তাঁর শরীর রইল কীভাবে
প্র— বলো কী? তবে তাঁর শরীর রইল কীভাবে? কারণ, ছয় মাস না খেলে তো আর মানবদেহ থাকতে পারে না এবং তোমরা তো বলো, যতটা শরীরবোধ এলে খাওয়াদাওয়া করা চলে, সেই সময়ে ঠাকুরের মাঝে মাঝে ‘আমি’-বোধের উদয় হলেও ততটা কখনওই আসেনি।
উ— সত্যিই ঠাকুরের শরীর থাকত না এবং ‘শরীরটা কিছুকাল থাকুক’ এমন ইচ্ছার লেশমাত্রও তখন ঠাকুরের মনে ছিল না; তবে তাঁর শরীরটা যে ছিল, তা কেবল জগদম্বা ঠাকুরের শরীরটার সাহায্যে তাঁর অদ্ভুত আধ্যাত্মিক শক্তির বিকাশ দেখিয়ে বহুজন-কল্যাণ সাধন করবেন বলে।
একজন যোগী-সাধুর আগমন ও ঠাকুরের অবস্থা বুঝে তাঁকে নিত্য জোর করে খাইয়ে দেওয়া
প্র— তা তো বটে, কিন্তু সেই ছয় মাস জগদম্বা নিজে মূর্তিপরিগ্রহ করে এসে কি ঠাকুরকে জোর করে খাইয়ে দিতেন?
উ— কতকটা সেরকমই বটে; কারণ, সেই সময়ে একজন সাধু কোথা থেকে আপনা-আপনি এসে জুটলেন, ঠাকুরের ওই মৃতকল্প অবস্থা যে যোগসাধনা বা শ্রীভগবানের সঙ্গে একত্বানুভবের ফল, তা সম্যক বুঝলেন এবং সেই ছয় মাস দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থেকে সময়ে সময়ে ঠাকুরের শ্রীঅঙ্গে আঘাত পর্যন্ত করে একটু-আধটু হুঁশ আনতে নিত্য চেষ্টা করতেন; আর একটু হুঁশ আসছে দেখলেই দুই-এক গ্রাস যা পারতেন, খাইয়ে দিতেন। একেবারে অপরিচিত জড়প্রায় মৃতকল্প একটি লোককে এভাবে বাঁচিয়ে রাখতে সাধুটির এত আগ্রহ, এতটা মাথাব্যথা কেন হয়েছিল জানি না, তবে এমন ঘটনাবলিকেই আমরা ভগবদিচ্ছায় সাধিত বলি। অতএব শ্রীশ্রীজগদম্বার সাক্ষাৎ ইচ্ছা ও শক্তিতেই সেই অসম্ভব সম্ভব হয়ে ঠাকুরের শরীরটা রক্ষা পেয়েছিল—এ ছাড়া আর কী বলব?
শ্রীশ্রীজগদম্বার আদেশ—‘ভাবমুখে থাক্’
প্র— আচ্ছা, বুঝলাম, তারপর?
উ— তারপর, শ্রীশ্রীজগদম্বা বা শ্রীভগবান বা যে বিরাটচৈতন্য ও বিরাট-শক্তি জগদ্রূপে প্রকাশিত আছেন এবং জড় চেতন সকলের মধ্যে ওতপ্রোতভাবে অনুপ্রবিষ্ট হয়ে আপাতবিভিন্ন নামরূপে অবস্থান করছেন, তিনি ঠাকুরকে আদেশ করলেন—‘ভাবমুখে থাক’!
একমেবাদ্বিতীয়ং-বস্তুতে নির্গুণ ও সগুণভাবে স্বগত-ভেদ এবং জগদ্ব্যাপী বিরাট আমিত্ব বর্তমান। এই বিরাট আমিত্বই ঈশ্বর বা শ্রীশ্রীজগদম্বার আমিত্ব; এবং তার দ্বারাই জগদ্ব্যাপার নিষ্পন্ন হয়
প্র— সেটা আবার কী?
উ— বলছি, কিন্তু ঠাকুরের সেই সময়কার কথা বুঝতে হলে কল্পনার সাহায্যে যতদূর সম্ভব ঠাকুরের তখনকার অবস্থাটা একবার ভেবে নেওয়া আবশ্যক। আগে বলেছি, তখন ঠাকুরের কখনও ‘আমি’-জ্ঞানের লোপ এবং কখনও তার ঈষৎ প্রকাশ হচ্ছিল। যখন ‘আমি’-বোধটার এই ঈষৎ প্রকাশ হচ্ছিল তখনও ঠাকুরের কাছে জগৎটা, আমরা যেমন দেখি তেমন দেখাচ্ছিল না। দেখাচ্ছিল, যেন একটা বিরাট মনে নানা ভাবতরঙ্গ উঠছে, ভাসছে, ক্রীড়া করছে, আবার লয় হচ্ছে! অপর সকলের তো কথাই নেই, ঠাকুরের নিজের শরীরটা, মনটা ও আমিত্ববোধটাও সেই বিরাট-মনের ভিতরের একটা তরঙ্গ বলে বোধ হচ্ছিল। পাশ্চাত্য জড়বাদী পণ্ডিতমূর্খের দল যে জগচ্চৈতন্য ও শক্তিকে নিজের বুদ্ধি ও বুদ্ধিপ্রসূত যন্ত্রাদির সাহায্যে মাপতে গিয়ে বলে বসে ‘ওটা এক হলেও জড়’, ঠাকুর এই অবস্থায় পৌঁছে তাঁরই সাক্ষাৎ স্বরূপ দর্শন বা অনুভব করলেন—জীবন্ত, জাগ্রত, একমেবাদ্বিতীয়ম্, ইচ্ছা ও ক্রিয়ামাত্রেরই প্রসূতি, অনন্ত কৃপাময়ী জগজ্জননী! আর দেখলেন—সেই একমেবাদ্বিতীয়ম্, নির্গুণ ও সগুণ ভাবে নিজের মধ্যে নিজেই বিভক্ত থাকায়—একেই শাস্ত্রে স্বগতভেদ বলেছে—তাঁর মধ্যে একটা আব্রহ্ম-স্তম্বপর্যন্তব্যাপী বিরাট আমিত্ব বিকশিত রয়েছে! শুধু তা-ই নয়, সেই বিরাট ‘আমি’টা থাকাতেই বিরাট মনে অনন্ত ভাবতরঙ্গ উঠছে; আর সেই ভাবতরঙ্গই কমবেশি পরিমাণে খণ্ড খণ্ড ভাবে দেখতে পেয়ে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র ‘আমি’গুলো তাকেই বাইরের জগৎ ও তার ভিন্ন ভিন্ন পদার্থ বলে ধরছে ও বলা-কহা ইত্যাদি করছে! ঠাকুর দেখলেন, বড় ‘আমি’টার শক্তিতেই মানুষের ছোট ‘আমি’গুলো রয়েছে ও নিজ নিজ কাজ করছে এবং বড় ‘আমি’টাকে দেখতে-ধরতে পাচ্ছে না বলেই ছোট ‘আমি’গুলো ভ্রমে পড়ে নিজেদেরকে স্বাধীন ইচ্ছা ও ক্রিয়াশক্তির অধিকারী মনে করছে। এই দৃষ্টিহীনতাকেই শাস্ত্র অবিদ্যা ও অজ্ঞান বলেন।
এই বিরাট আমিত্বেরই নাম ‘ভাবমুখ’, কারণ সংসারের সকল প্রকার ভাবই তাকে আশ্রয় করে উদয় হচ্ছে
নির্গুণ ও সগুণের মধ্যস্থলে এভাবে যে বিরাট ‘আমিত্ব’টা রয়েছে, তা-ই ‘ভাবমুখ’—কারণ তা থাকাতেই বিরাট মনে অনন্ত ভাবের স্ফুরণ হচ্ছে। এই বিরাট আমিই জগজ্জননীর আমিত্ব বা ঈশ্বরের আমিত্ব। এই বিরাট আমিত্বের স্বরূপ বর্ণনা করতে গিয়েই গৌড়ীয় বৈষ্ণবাচার্যেরা একে বলেছেন অচিন্ত্যভেদাভেদস্বরূপ জ্যোতির্ঘনমূর্তি ভগবান শ্রীকৃষ্ণ।
পূর্ণ নির্বিকল্প এবং ঈষৎ সবিকল্প বা ‘ভাবমুখ’ অবস্থায় ঠাকুরের অনুভব ও দর্শন
ঠাকুরের আমিত্ব-জ্ঞানের যখন একেবারে লোপ হচ্ছিল তখন তিনি এই বিরাট আমিত্বের গণ্ডির পারে অবস্থিত জগদম্বার নির্গুণ ভাবে অবস্থান করছিলেন—তখন সেই ‘বিরাট আমি’ ও তার অনন্ত ভাবতরঙ্গ, যাকে আমরা জগৎ বলছি, তার কিছুরই অস্তিত্ব অনুভব হচ্ছিল না; আর যখন ঠাকুরের ‘আমি’-জ্ঞানের ঈষৎ উন্মেষ হচ্ছিল তখন তিনি দেখছিলেন, শ্রীশ্রীজগদম্বার নির্গুণভাবের সঙ্গে সংযুক্ত এই সগুণ বিরাট ‘আমি’ ও তার অন্তর্গত ভাবতরঙ্গগুলি। অথবা নির্গুণভাবে ওঠামাত্র সঙ্গে সঙ্গে ঠাকুরের অনুভবে সেই একমেবাদ্বিতীয়মের ভিতর স্বগতভেদের অস্তিত্বও লোপ পাচ্ছিল; আর যখন সেই সগুণ বিরাট আমিত্ব বোধ করছিলেন, তখন দেখছিলেন—যিনি ব্রহ্ম তিনিই শক্তি, যে নির্গুণ সেই সগুণ, যে পুরুষ সেই প্রকৃতি, যে সাপ স্থির ছিল সেই এখন চলছে, অথবা যিনিই স্বরূপে নির্গুণ তিনিই আবার লীলায় সগুণ!
‘ভাবমুখে থাক্’—কথার অর্থ
শ্রীশ্রীজগদম্বার এই নির্গুণ-সগুণ উভয় ভাবে জড়িত স্বরূপের পূর্ণ দর্শন পাওয়ার পর ঠাকুর আদেশ পেলেন ‘ভাবমুখে থাক্’—অর্থাৎ আমিত্বের একেবারে লোপ করে নির্গুণভাবে অবস্থান কোরো না; বরং যা থেকে যত প্রকার বিশ্বভাবের উৎপত্তি হচ্ছে সেই বিরাট ‘আমি’ই তুমি, তাঁর ইচ্ছাই তোমার ইচ্ছা, তাঁর কার্যই তোমার কার্য—এই ভাবটি ঠিক ঠিক সর্বদা প্রত্যক্ষ অনুভব করে জীবনযাপন করো ও লোককল্যাণসাধন করো। অতএব ‘ভাবমুখে’ থাকার অর্থই হল—মনে সর্বতোভাবে, সব সময় সব অবস্থায় দেখা, ধারণা বা বোধ করা যে আমি সেই ‘বড় আমি’ বা ‘পাকা আমি’। ‘ভাবমুখ’ অবস্থায় পৌঁছলে, ‘আমি অমুকের সন্তান, অমুকের পিতা, ব্রাহ্মণ বা শূদ্র’ ইত্যাদি সমস্ত কথা একেবারে মন থেকে ধুয়ে-মুছে যায় এবং ‘আমি সেই বিশ্বব্যাপী আমি’ এই কথাটি সর্বদা মনে অনুভব হয়। ঠাকুর তাই আমাদের বার বার শিক্ষা দিতেন—“ওগো, অমুকের ছেলে আমি, অমুকের বাপ আমি, ব্রাহ্মণ আমি, শূদ্র আমি, পণ্ডিত আমি, ধনী আমি—এ সব হচ্চে কাঁচা আমি; ওতে বন্ধন নিয়ে আসে। ও সব ছেড়ে মনে করবে তাঁর (ভগবানের) দাস আমি, তাঁর ভক্ত আমি, তাঁর সন্তান আমি, তাঁর অংশ আমি। এই ভাবটি মনে পাকা করে রাখবে।” অথবা বলতেন—“ওরে, অদ্বৈতজ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তা কর!”
সাধকের আধ্যাত্মিক উন্নতিতে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত-ভাব পর পর আসে
পাঠক হয়তো বলবে, ঠাকুর কি তবে ঠিক ঠিক অদ্বৈতবাদী ছিলেন না? শ্রীশ্রীজগদম্বার মধ্যে স্বগতভেদ স্বীকার করে ঠাকুর যখন জগন্মাতার নির্গুণ সগুণ দুই ভাবে অবস্থান দেখতেন, তখন তো বলতে হবে তিনি আচার্য শঙ্করপ্রতিষ্ঠিত অদ্বৈতবাদ, যাতে জগতের অস্তিত্বই স্বীকৃত হয়নি, তা মানতেন না? তা নয়! ঠাকুর অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও দ্বৈত সব ভাব বা মতই মানতেন। তবে বলতেন, এই তিন প্রকার মত মানবমনের উন্নতির অবস্থা অনুযায়ী পর পর আসে। এক অবস্থায় দ্বৈতভাব আসে—তখন অপর দুই ভাবই মিথ্যা বলে বোধ হয়। ধর্মোন্নতির উচ্চতর সোপানে উঠলে আর এক অবস্থায় বিশিষ্টাদ্বৈতবাদ আসে—তখন নিত্য নির্গুণ বস্তু লীলায় সতত সগুণ হয়ে রয়েছেন, এমন বোধ হয়। তখন দ্বৈতবাদ তো মিথ্যা বোধ হয়ই, আবার অদ্বৈতবাদে যে সত্য নিহিত আছে তা-ও মনে উপলব্ধি হয় না। আর মানুষ যখন সাধনার সাহায্যে ধর্মোন্নতির শেষ সীমায় পৌঁছয়, তখন শ্রীশ্রীজগদম্বার কেবলমাত্র নির্গুণরূপই উপলব্ধি করে তাঁতে অদ্বৈতভাবে অবস্থান করে। তখন আমি-তুমি, জীব-জগৎ, ভক্তি-মুক্তি, পাপ-পুণ্য, ধর্মাধর্ম—সব একাকার!
মহাজ্ঞানী হনুমানের এ বিষয়ক কথা
এই প্রসঙ্গে ঠাকুর দৃষ্টান্ত হিসেবে দাস্যভাবের উজ্জ্বল নিদর্শন মহাজ্ঞানী হনুমানের এ বিষয়ে উপলব্ধির কথা বলতেন। বলতেন—“শ্রীরামচন্দ্র কোনো এক সময়ে নিজের দাস হনুমানকে জিজ্ঞাসা করেন, ‘তুমি আমায় কী ভাবে দেখো, বা ভাবনা ও পূজা করো?’ হনুমান উত্তরে বলেন, ‘হে রাম, যখন আমি দেহবুদ্ধিতে থাকি অথবা আমি এই দেহটা, এমন অনুভব করি, তখন দেখি—তুমি প্রভু, আমি দাস; তুমি সেব্য, আমি সেবক; তুমি পূজ্য, আমি পূজক; যখন আমি মন বুদ্ধি ও আত্মাবিশিষ্ট জীবাত্মা বলে নিজেকে বোধ করতে থাকি, তখন দেখি—তুমি পূর্ণ, আমি অংশ; আর যখন আমি উপাধিমাত্ররহিত শুদ্ধ আত্মা, সমাধিতে এই ভাব নিয়ে থাকি, তখন দেখি—তুমিও যা, আমিও তা—তুমি আমি এক, কোনো ভেদই নেই।’”
অদ্বৈতভাব চিন্তা, কল্পনা ও বাক্যাতীত; যতক্ষণ বলা কহা আছে ততক্ষণ নিত্য ও লীলা, ঈশ্বরের উভয় ভাব নিয়ে থাকতেই হবে
ঠাকুর বলতেন, “যে ঠিক ঠিক অদ্বৈতবাদী সে চুপ হয়ে যায়! অদ্বৈতবাদ বলবার বিষয় নয়। বলতে-কইতে গেলেই দুটো এসে পড়ে, ভাবনা-কল্পনা যতক্ষণ ততক্ষণও ভিতরে দুটো—ততক্ষণও ঠিক অদ্বৈতজ্ঞান হয় নাই। জগতে একমাত্র ব্রহ্মবস্তু বা শ্রীশ্রীজগদম্বার নির্গুণভাবই কখনও উচ্ছিষ্ট হয় নাই।” অর্থাৎ মানুষের মুখ দিয়ে বের হয়নি, অথবা মানুষ ভাষা দিয়ে তা প্রকাশ করতে পারেনি। কারণ সেই ভাব মানুষের মন-বুদ্ধির অতীত; বাক্যে তা কেমন করে বলা বা বোঝানো যাবে? অদ্বৈতভাব সম্বন্ধে ঠাকুর সেজন্য বার বার বলতেন, “ওরে, ওটা শেষকালের কথা।” অতএব দেখা যাচ্ছে ঠাকুর বলতেন, “যতক্ষণ ‘আমি-তুমি’ ‘বলা-কহা’ প্রভৃতি রয়েছে ততক্ষণ নির্গুণ-সগুণ, নিত্য ও লীলা—দুই ভাবই কাজে মানতে হবে। ততক্ষণ অদ্বৈতভাব মুখে বললেও কাজে, ব্যবহারে তোমাকে বিশিষ্টাদ্বৈতবাদী থাকতে হবে।” এ সম্বন্ধে ঠাকুর আরও কতই না দৃষ্টান্ত দিতেন! বলতেন –
এ বিষয়ে ঠাকুরের কয়েকটি দৃষ্টান্ত। যেমন—গানের অনুলোম-বিলোম; বেল, থোড়, প্যাঁজের খোলা
“যেমন গানের অনুলোম-বিলোম—সা ঋ গা মা পা ধা নি সা করে সুর তুলে আবার সা নি ধা পা মা গা ঋ সা—করে সুর নামানো। সমাধিতে অদ্বৈত-বোধটা অনুভব করে আবার নিচে নেমে ‘আমি’-বোধটা নিয়ে থাকা।
“যেমন বেলটা হাতে নিয়ে বিচার করা যে, খোলা, বিচি, শাঁস—এর কোনটা বেল। প্রথম খোলাটাকে অসার বলে ফেলে দিলাম, বিচিগুলোকেও তাই করলাম; আর শাঁসটুকু আলাদা করে বললাম, এইটিই বেলের সার—এইটিই আদত বেল। তারপর আবার বিচার এল যে, যারই শাঁস তারই খোলা ও বিচি—খোলা, বিচি ও শাঁস সব একসঙ্গে করেই বেলটা; সেইরকম নিত্য ঈশ্বরকে প্রত্যক্ষ করে তারপর বিচার—যে নিত্য সেই লীলায় জগৎ!
“যেমন থোড়খানার খোলা ছাড়াতে ছাড়াতে মাঝটায় পৌঁছুলুম আর সেটাকেই সার ভাবলুম। তারপর বিচার এল—খোলেরই মাঝ, মাঝেরই খোল—দুই জড়িয়েই থোড়টা।
“যেমন প্যাঁজটা খোসা ছাড়াতে ছাড়াতে আর কিছুই থাকে না, সেই রকম কোনটা ‘আমি’ বিচার করে দেখতে গিয়ে শরীরটা নয়, মনটা নয়, বুদ্ধিটা নয় করে ছাড়াতে ছাড়াতে গিয়ে দেখা যায়, ‘আমি’ বলে একটা আলাদা কিছুই নাই—সবই ‘তিনি’ ‘তিনি’ ‘তিনি’ (ঈশ্বর); যেমন গঙ্গার খানিকটা জল বেড়া দিয়ে ঘিরে বলা—এটা আমার গঙ্গা!”
এখন ওসব কথা যাক্, আমরা আগের কথায় ফিরে যাই।
ভাবমুখ—নির্গুণ থেকে কয়েক পদ নিচে অবস্থিত হলেও সেই অবস্থায় অদ্বৈত বস্তুর বিশেষ অনুভব থাকে। এই অবস্থায় কেমন অনুভব হয়। ঠাকুরের দৃষ্টান্ত
ভাবমুখে অবস্থান করে যখন বিশ্বব্যাপী আমিত্বের ঠিক ঠিক অনুভব হত, তখন ‘এক’ থেকে ‘বহু’র বিকাশ দেখে ঠাকুর শ্রীশ্রীজগদম্বার নির্গুণভাব থেকে কয়েক পদ নিচে বিদ্যা-মায়ার রাজ্যে যে বিচরণ করতেন, এ কথা আর বলতে হবে না। কিন্তু সে রাজ্যেও একের বিকাশ ও অনুভব এত অধিক যে, এই ব্রহ্মাণ্ডে যে যা করছে, ভাবছে, বলছে, সেসবই আমি করছি, ভাবছি, বলছি বলে ঠাকুরের ঠিক ঠিক মনে হত! এই অবস্থার অল্প বা আভাসমাত্র অনুভবও অতি অদ্ভুত! ঠাকুর বলেছিলেন, একদিন ঘাসের উপর দিয়ে একজন চলে যাচ্ছে, আর তাঁর বুকে বিষম আঘাত লাগছে! —যেন তাঁর বুকের উপর দিয়েই সে যাচ্ছে! বাস্তবিকই তখন তাঁর বুকে রক্ত জমে কালো দাগ হয়ে গিয়েছিল, এবং তিনি বেদনায় ছটফট করেছিলেন।
বিদ্যা-মায়ার রাজ্যে আরও নিম্নস্তরে নামলে তবে ঈশ্বরের দাস, ভক্ত, সন্তান বা অংশ—‘আমি’—এমন অনুভব হয়
সেই অবস্থা থেকে মায়ার রাজ্যের আরও নিম্নস্তরে নেমে যখন থাকতেন, তখন ঠাকুরের মনে শ্রীশ্রীজগদম্বার দাস আমি, ভক্ত আমি, সন্তান আমি বা অংশ আমি—এই ভাবটি সর্বদা জাগরূক থাকত। তারও নিচে অবিদ্যা-মায়ার বা কাম ক্রোধ লোভ মোহাদির রাজত্ব। সে রাজ্য ঠাকুর যত্ন করে নিরন্তর অভ্যাসের সাহায্যে ত্যাগ করেছিলেন বলে তাঁর মন সেখানে আর কখনও নামত না, বা শ্রীশ্রীজগদম্বা তাঁকে নামতে দিতেন না। ঠাকুর যেমন বলতেন, “যে মার উপর একান্ত নির্ভর করেছে, মা তার পা বেতালে পড়তে দেন না।”
ঠাকুরের ‘কাঁচা আমি’টার একেবারে নাশ হয়ে বিরাট ‘পাকা আমিত্বে’ অনেক কাল অবস্থিতি। সেই অবস্থাতেই তাঁর ভিতরে গুরুভাব প্রকাশ পেত। অতএব দীনভাব ও গুরুভাব অবস্থানুসারে এক ব্যক্তিতে আসা অসম্ভব নয়
অতএব বোঝা যাচ্ছে, নির্বিকল্প-সমাধিলাভের পর ঠাকুরের ভিতরের ছোট আমি বা কাঁচা আমিটার একেবারে লোপ হয়েছিল। আর যে আমিত্বটুকু ছিল, সেটি নিজেকে ‘বড় আমি’ বা ‘পাকা আমি’-টার সঙ্গে চিরসংযুক্ত দেখত—কখনও নিজেকে দেখত সেই বিশ্বব্যাপী আমিটার অঙ্গ বা অংশ, আবার কখনও তার নিকট নিকটতর নিকটতম দেশে উঠে সেই বিশ্বব্যাপী ‘আমি’-তে লীন হয়ে যেত। এই পথেই সকল মনের সকল ভাব ঠাকুরের আয়ত্ত হত। কারণ সেই ‘বড় আমি’-কে আশ্রয় করেই জগতে সকলের মনের যত প্রকার ভাব উঠছে। ঠাকুর সেই বিশ্বব্যাপী ‘আমি’-কে আশ্রয় করে অনুক্ষণ থাকতে পারতেন বলেই বিশ্বমনে যত ভাবতরঙ্গ উঠছে, সবই ধরতে ও বুঝতে সক্ষম হতেন। এমন উচ্চাবস্থায় ‘ভগবানের অংশ আমি’, ঠাকুরের এ ভাবটিও ক্রমশ লীন হয়ে যেত, এবং ‘বিশ্বব্যাপী আমি’ বা শ্রীশ্রীজগন্মাতার আমিত্বই ঠাকুরের ভিতর দিয়ে প্রকাশিত হয়ে নিগ্রহানুগ্রহ-সমর্থ গুরুরূপে প্রতিভাত হত! কাজেই ঠাকুরকে দেখলে তখন আর ‘দীনের দীন’ বলে বোধ হত না। তখন ঠাকুরের চাল-চলন, অপরের সঙ্গে ব্যবহার প্রভৃতি সমস্ত ক্রিয়াকলাপই অন্য আকার ধারণ করত। তখন কল্পতরুর মতো হয়ে তিনি ভক্তকে জিজ্ঞাসা করতেন, “তুই কী চাস?” —যেন ভক্ত যা চান, তা তৎক্ষণাৎ অমানুষী শক্তিবলে পূরণ করতে বসেছেন! দক্ষিণেশ্বরে বিশেষ বিশেষ ভক্তকে কৃপা করার জন্য এমন ভাবাপন্ন হতে ঠাকুরকে আমরা নিত্য দেখেছি; আর দেখেছি, ১৮৮৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি। সেদিন ঠাকুর সেই ভাবাপন্ন হয়ে তখন উপস্থিত সকল ভক্তকে স্পর্শ করে তাদের ভিতর ধর্মশক্তি সঞ্চারিত বা সুপ্ত ধর্মভাবকে জাগ্রত করে দিলেন! সে এক অপূর্ব কথা—এখানে বললে মন্দ হবে না।
গুরুভাবে ঠাকুরের ইচ্ছা ও স্পর্শমাত্রে অপরের ভিতর ধর্মশক্তি জাগ্রত করে দেওয়ার দৃষ্টান্ত—১৮৮৬ খ্রিস্টাব্দ ১লা জানুয়ারির ঘটনা
১৮৮৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি, পৌষ মাস। দুই সপ্তাহের কিছু বেশি হল ভক্তেরা শ্রীযুত মহেন্দ্রলাল সরকার ডাক্তার মহাশয়ের পরামর্শ অনুসারে ঠাকুরকে কলিকাতার উত্তরে কাশীপুরে রানী কাত্যায়নীর জামাতা গোপালবাবুর বাগানবাড়িতে এনে রেখেছেন। ডাক্তার বলেছেন, কলিকাতার বায়ুর চেয়ে বাগান অঞ্চলের বায়ু নির্মল, আর যতদূর সম্ভব নির্মল বায়ুতে থাকলে ঠাকুরের গলরোগের উপশম হতে পারে। বাগানে আসার কয়েকদিন পরেই ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত ঠাকুরকে দেখতে এসেছিলেন এবং লাইকোপোডিয়াম (২০০) ওষুধ প্রয়োগ করেছিলেন। এতে গলরোগটার কিছু উপকারও বোধ হয়েছিল। ঠাকুর কিন্তু এখানে আসা অবধি বাড়ির দোতলা থেকে একদিন একবারও নিচের তলায় নামেননি, বা বাগানে বেড়িয়ে বেড়াননি। আজ শরীর অনেকটা ভালো থাকায় বিকেলে বাগানে বেড়াবার ইচ্ছা প্রকাশ করেছেন। কাজেই ভক্তদের আজ বিশেষ আনন্দ।
স্বামী বিবেকানন্দের তখন তীব্র বৈরাগ্য—সাংসারিক উন্নতির সব কামনা ত্যাগ করে ঠাকুরের কাছে বাস করছেন ও তাঁর উপদেশ পেয়ে শ্রীভগবানের দর্শনের জন্য নানারকম সাধন করছেন। সমস্ত রাত্রি গাছতলায় ধুনি বা আগুন জ্বেলে ধ্যান, জপ, ভজন, পাঠ ইত্যাদি নিয়েই থাকেন! আরও কয়েকজন ভক্তও, যেমন—ছোট গোপাল, কালী (অভেদানন্দ) ইত্যাদি, দরকারি জিনিসপত্র আনা প্রভৃতি কাজ করে তাঁকে সাধনায় সাহায্য করেন, এবং নিজেরাও যথাসাধ্য ধ্যান-ভজন করেন। গৃহী ভক্তেরা বিষয়কর্মে ব্যস্ত থাকায় সর্বদা ঠাকুরের কাছে থাকতে পারেন না; সুবিধা পেলেই আসা-যাওয়া করেন, এবং যাঁরা ঠাকুরের সেবায় নিরন্তর ব্যাপৃত, তাঁদের খাওয়াদাওয়ার সব বন্দোবস্ত করে দেন ও কখনও কখনও এক-আধ দিন থেকেও যান। আর ইংরেজি বছরের প্রথম দিন বলে ছুটি থাকায় অনেকেই কাশীপুরের বাগানে এসেছেন।
বিকেল ৩টা বেজে গেছে। ঠাকুর লালপেড়ে ধুতি, একটি পিরান, লালপাড় বসানো একখানি মোটা চাদর, কানঢাকা টুপি ও চটিজুতোটি পরে স্বামী অদ্ভুতানন্দের সঙ্গে উপর থেকে ধীরে ধীরে নিচে নামলেন, এবং নিচের হলঘরটি দেখে পশ্চিমের দরজা দিয়ে বাগানের পথে বেড়াতে চললেন। গৃহী ভক্তদের কেউ কেউ ঠাকুর এভাবে বেড়াতে যাচ্ছেন দেখতে পেয়ে সানন্দে তাঁর পিছন পিছন যেতে লাগলেন। শ্রীযুক্ত নরেন্দ্র (স্বামী বিবেকানন্দ) প্রমুখ বালক বা যুবক ভক্তেরা তখন সারা রাত জেগে ক্লান্ত থাকায় হলঘরের পাশে যে ছোট ঘরটি ছিল, তার ভিতর ঘুমোচ্ছেন। শ্রীযুত লাটু (স্বামী অদ্ভুতানন্দ) গৃহী ভক্তদের এভাবে যেতে দেখে ঠাকুরের সঙ্গে নিজের আর বেশি দূর যাওয়ার দরকার নেই বুঝে হলঘরের সামনের ছোট পুকুরটির দক্ষিণপাড় পর্যন্ত এসেই ফিরলেন, এবং আর একজন যুবক ভক্তকে ডেকে নিয়ে, ঠাকুর উপরে যে ঘরটিতে থাকেন সেটি ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করতে ও ঠাকুরের বিছানাপত্র রোদে দিতে লেগে গেলেন।
গৃহী ভক্তদের মধ্যে শ্রীযুত গিরিশের তখন প্রবল অনুরাগ। ঠাকুর এক সময়ে তাঁর অদ্ভুত বিশ্বাসের ভূয়সী প্রশংসা করে অন্য ভক্তদের বলেছিলেন, “গিরিশের পাঁচ সিকে পাঁচ আনা বিশ্বাস! এর পর লোকে ওর অবস্থা দেখে অবাক হবে!” বিশ্বাস-ভক্তির প্রবল প্রেরণায় গিরিশ তখন থেকে ঠাকুরকে সাক্ষাৎ ভগবান—জীবোদ্ধারের জন্য কৃপায় অবতীর্ণ বলে অনুক্ষণ দেখতেন, এবং ঠাকুর তাঁকে নিষেধ করলেও নিজের সেই ধারণা সকলের কাছে প্রকাশ্যে বলে বেড়াতেন। গিরিশও সেদিন বাগানে উপস্থিত আছেন, এবং শ্রীযুত রাম প্রমুখ অন্য কয়েকটি গৃহী ভক্তের সঙ্গে একটি আমগাছের তলায় বসে কথাবার্তা বলছেন।
ঠাকুর ভক্তপরিবৃত হয়ে উদ্যানের ভিতরের প্রশস্ত পথটি দিয়ে বাগানের গেটের দিকে ধীরে ধীরে এগোতে এগোতে প্রায় মাঝপথে এসে পথের ধারে আমগাছের ছায়ায় শ্রীযুত রাম ও শ্রীযুত গিরিশকে দেখতে পেলেন, এবং গিরিশকে সম্বোধন করে বললেন, “গিরিশ, তুমি কী দেখেছ (আমার সম্বন্ধে) যে অত কথা (আমি অবতার ইত্যাদি) যাকে তাকে বলে বেড়াও?”
ঠাকুর সহসা এভাবে জিজ্ঞাসা করলেও গিরিশের বিশ্বাস টলল না। তিনি সসম্ভ্রমে উঠে রাস্তার উপরে এসে ঠাকুরের পদতলে জানু পেতে করজোড়ে বসলেন, এবং গদগদ কণ্ঠে বললেন, “ব্যাস বাল্মীকি যাঁর কথা বলে অন্ত করতে পারেননি, আমি তাঁর সম্বন্ধে আর বেশি কী বলতে পারি!”
গিরিশের এমন অদ্ভুত বিশ্বাসের কথা শুনে ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল, এবং মন উচ্চ ভূমিতে উঠে যাওয়ায় তিনি সমাধিস্থ হলেন। গিরিশও তখন ঠাকুরের সেই দেবভাবে প্রদীপ্ত মুখমণ্ডল দেখে উল্লাসে চিৎকার করে ‘জয় রামকৃষ্ণ’ ‘জয় রামকৃষ্ণ’ বলে বার বার পদধূলি গ্রহণ করতে লাগলেন।
ঠাকুরের সেই স্পর্শে ভক্তদের প্রত্যেকের দর্শন ও অনুভব
ইতিমধ্যে ঠাকুর অর্ধবাহ্যদশায় হাসিমুখে উপস্থিত সকলের দিকে তাকিয়ে বললেন, “তোমাদের কী আর বলব, তোমাদের সকলের চৈতন্য হোক!” ভক্তেরা সেই অভয়বাণী শুনে তখন আনন্দে জয় জয় রব করে কেউ প্রণাম, কেউ পুষ্পবর্ষণ এবং কেউ বা এসে পদস্পর্শ করতে লাগলেন। প্রথম ব্যক্তি পদস্পর্শ করে উঠে দাঁড়াতেই ঠাকুর সেই অর্ধবাহ্য অবস্থায় তার বুক স্পর্শ করে নিচের দিক থেকে উপরের দিকে হাত বুলিয়ে বললেন, “চৈতন্য হোক!” দ্বিতীয় ব্যক্তি এসে প্রণাম করে উঠতেই তাকেও সেইরকম করলেন! তৃতীয় ব্যক্তিকেও সেইরকম! চতুর্থকেও সেইরকম! এমনি করে সমাগত ভক্তদের সকলকে একে একে সেইভাবে স্পর্শ করতে লাগলেন। আর সেই অদ্ভুত স্পর্শে প্রত্যেকের ভিতর অপূর্ব ভাবান্তর দেখা দিল—কেউ হাসতে লাগলেন, কেউ কাঁদতে, কেউ বা ধ্যান করতে, আবার কেউ বা নিজে আনন্দে পরিপূর্ণ হয়ে অপর সকলকে অহেতুক-দয়ানিধি ঠাকুরের কৃপা পেয়ে ধন্য হতে চিৎকার করে ডাকতে লাগলেন! সেই চিৎকার ও জয় রবে ত্যাগী ভক্তদের কেউ বা ঘুম ছেড়ে, কেউ বা হাতের কাজ ফেলে ছুটে এসে দেখলেন, বাগানের পথে সকলে ঠাকুরকে ঘিরে ওইরকম পাগলের মতো আচরণ করছেন! এবং দেখেই বুঝলেন, দক্ষিণেশ্বরে বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি কৃপায় ঠাকুরের দিব্যভাবাবেশে যে অদৃষ্টপূর্ব লীলার অভিনয় হত, আজ এখানে সকলের প্রতি কৃপায় সকলকে নিয়ে তারই প্রকাশ! ত্যাগী ভক্তেরা আসতে আসতেই ঠাকুরের সে অবস্থা বদলে গেল, এবং আবার সাধারণ সহজ ভাব এল। পরে গৃহী ভক্তদের অনেককে সেই সময়ে কেমন অনুভব হয়েছিল তা জিজ্ঞাসা করে জানা গেল, কারও সিদ্ধির নেশার মতো একটা নেশা ও আনন্দ—কারও চোখ বোজামাত্র, যে মূর্তির নিত্য ধ্যান করতেন অথচ দর্শন পেতেন না, ভিতরে সেই মূর্তির জাজ্বল্য দর্শন—কারও ভিতরে আগে অননুভূত একটা পদার্থ বা শক্তি যেন সড়সড় করে উপরে উঠছে, এমন বোধ ও আনন্দ, এবং কারও বা আগে যা কখনও দেখেননি এমন একটা জ্যোতি চোখ বুজলেই দর্শন ও আনন্দানুভব হয়েছিল! দর্শনাদি প্রত্যেকের ভিন্ন ভিন্ন হলেও একটা অসাধারণ দিব্য আনন্দে ভরপুর হয়ে যাওয়ার অনুভবটি সকলেরই প্রত্যক্ষ—এ কথাটি বেশ বোঝা গিয়েছিল। শুধু তা-ই নয়, ঠাকুরের ভিতরের এক অমানুষী শক্তিই যে বাহ্যস্পর্শের মধ্য দিয়ে সঞ্চারিত হয়ে প্রত্যেক ভক্তের ভিতর এমন অপূর্ব মানসিক অনুভব ও পরিবর্তন এনে দিল, এ কথাটিও সকলেরই প্রত্যক্ষ বলে বোঝা গিয়েছিল। উপস্থিত ভক্তদের মধ্যে কেবল দুই জনকে ঠাকুর “এখন নয়” বলে ওইভাবে স্পর্শ করেননি! এবং তাঁরাই কেবল এই আনন্দের দিনে নিজেদের হতভাগ্য মনে করে বিষণ্ণ হয়েছিলেন।[2]
কখন কাকে কৃপায় ঠাকুর ওইভাবে স্পর্শ করবেন, তা বোঝা যেত না
এ থেকে এই বিষয়টিও বোঝা গিয়েছিল যে, কখন কার প্রতি কৃপায় ঠাকুরের ভিতর দিয়ে সেই দিব্যশক্তির প্রকাশ হবে, তার কোনো স্থিরতাই নেই! সাধারণ অবস্থায় ঠাকুর নিজেও তা জানতে বা বুঝতে পারতেন কি না, সে বিষয়ে সন্দেহ আছে।
‘কাঁচা আমি’টার লোপ বা নাশেই গুরুভাব-প্রকাশের কথা সকল ধর্মশাস্ত্রে আছে
অতএব বেশ বোঝা যাচ্ছে, কাঁচা বা ছোট আমিত্বটাকে সম্পূর্ণভাবে বিসর্জন দিতে পেরেছিলেন বলেই ঠাকুর ‘বিশ্বব্যাপী আমি’ বা শ্রীশ্রীজগদম্বার শক্তিপ্রকাশের মহান যন্ত্রস্বরূপ হতে পেরেছিলেন! এবং সেই কাঁচা ‘আমি’-টাকে একেবারে ত্যাগ করে যথার্থ ‘দীনের দীন’ অবস্থায় উপনীত হয়েছিলেন বলেই ঠাকুরের ভিতর দিয়ে শ্রীশ্রীজগন্মাতার লোকগুরু, জগদ্গুরু-ভাবটির এমন অপূর্ব বিকাশ সম্ভব হয়েছিল! সকল ধর্মের সকল অবতারপুরুষের জীবনেই যে এভাবে আমিত্বের লোপেই গুরুভাব বা গুরুশক্তির বিকাশ দেখা দিয়েছিল, জগতের ধর্মেতিহাস এ বিষয়ে চিরকাল সাক্ষ্য দিয়ে আসছে।
গুরুভাব মানবীয় ভাব নয়—সাক্ষাৎ জগদম্বার ভাব, মানবের শরীর ও মনকে যন্ত্র-স্বরূপে অবলম্বন করে প্রকাশিত
গুরুতে মনুষ্যবুদ্ধি করলে ধর্মলাভ বা ঈশ্বরলাভ হয় না, এ কথা আমরা আবহমান কাল ধরে শুনে আসছি।
‘গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুর্গুরুর্দেবো মহেশ্বরঃ।’
– ইত্যাদি স্তুতিকথা আমরা চিরকালই বিশ্বাস বা অবিশ্বাসের সঙ্গে মন্ত্রদীক্ষাদাতা গুরুর উদ্দেশে উচ্চারণ করে আসছি। অনেকে আবার বিদেশি শিক্ষার কুহকে পড়ে নিজেদের জাতীয় শিক্ষা ও ভাব বিসর্জন দিয়ে কোনো মানুষকে এমন বলা মহাপাপের মধ্যে গণ্য করে অনেক বাদানুবাদ করতেও পশ্চাৎপদ হননি! কারণ কে-ই বা তখন বোঝে যে, কোনো কোনো মানব-শরীরকে আশ্রয় করে প্রকাশ পেলেও গুরুভাবটি মানবীয় ভাবরাজ্যেরই অন্তর্গত নয়। কে-ই বা তখন জানে যে, শরীর রক্ষার উপযোগী জলবায়ু, আহার প্রভৃতি নিত্য-আবশ্যক সব বস্তুর মতো, মায়াপাশে বদ্ধ ত্রিতাপে তাপিত মানবমনের সমস্ত জ্বালা নিবারণের ও শান্তিলাভের উপায় হয়ে শ্রীশ্রীজগন্মাতা স্বয়ংই সেই ভাব ও শক্তিরূপে শুদ্ধ, বুদ্ধ, অহমিকাশূন্য মানবমনের ভিতর দিয়ে পূর্ণভাবে প্রকাশিত আছেন? এবং কে-ই বা তখন ধারণা করে যে, যার মন যতটা অহংকার ত্যাগ করতে বা ‘কাঁচা আমি’-টাকে ছাড়তে পারে, ততটাই সে এই ভাব ও শক্তিপ্রকাশের যন্ত্রস্বরূপ হয়! সাধারণ মানবমনে সেই দিব্যভাবের যৎসামান্য ‘ছিটে ফোঁটা’ মাত্র প্রকাশ পায়, তাই আমরা ততটা ধরতে ছুঁতে পারি না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, শঙ্কর, যীশু প্রভৃতি পূর্ব পূর্ব যুগাবতারে এবং বর্তমান যুগে ভগবান শ্রীরামকৃষ্ণে সেই দিব্যশক্তির এমন অপূর্ব লীলা যখন বহুভাগ্যফলে কারও নয়নগোচর হয়, তখনই সে প্রাণে প্রাণে বোঝে যে, এ শক্তিপ্রকাশ মানুষের নয়—সাক্ষাৎ ঈশ্বরের! তখনই ভবরোগগ্রস্ত পথভ্রান্ত জিজ্ঞাসু মানবের মোহ-মলিনতা দূরে অপসারিত হয়, এবং সে বলে ওঠে, ‘হে গুরু, তুমি কখনই মানুষ নও—তুমি তিনি!’
ঈশ্বর করুণায় সেই ভাব অবলম্বন করে মানব-মনের অজ্ঞান-মোহ দূর করেন। সেজন্য গুরুভক্তি ও ঈশ্বরভক্তি একই কথা
অতএব বোঝা যাচ্ছে, শ্রীশ্রীজগন্মাতা যে ভাবরূপে মানবমনের সকল প্রকার অজ্ঞান-মলিনতা দূর করেন, সেই উচ্চ ভাবেরই নাম গুরুভাব বা গুরুশক্তি। সেই ভাবকেই শাস্ত্র গুরু নাম দিয়েছেন, এবং মানুষকে তার প্রতি মনের ষোল আনা শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস অর্পণ করতে বলেছেন। কিন্তু স্থূলবুদ্ধি, ভক্তি-শ্রদ্ধাদি সবেমাত্র শিখতে আরম্ভ করেছে, এমন মানব-মন তো আর একটা অশরীরী ভাবকে ধরতে ছুঁতে, ভালোবাসতে পারে না; এজন্যই শাস্ত্র দীক্ষাদাতা মানুষকে গুরু বলে ভক্তি করতে বলেছেন। সেজন্য যাঁরা বলেন, আমরা গুরুভাবটিকে শ্রদ্ধা-ভক্তি করতে পারি, কিন্তু যে দেহটা আশ্রয় করে সেই ভাব আমাদের কাছে প্রকাশিত হয়, তাকে মান্য-ভক্তি কেন করব—সে ভাব তো আর তাঁর নয়? তাঁদের আমরা বলি—‘ভাই, করতে পারো করো, কিন্তু দেখো যেন নিজের মনের জুয়াচুরিতে ঠকতে না হয়; শক্তি বা ভাব, এবং যা অবলম্বন করে সেই ভাব প্রকাশিত থাকে, এ দুটিকে কখনও তো পৃথক পৃথক থাকতে দেখোনি, তবে কেমন করে আগুন ও আগুনের দাহিকাশক্তিকে পৃথক করে একটিকে গ্রহণ ও ভক্তি-শ্রদ্ধা করবে এবং অপরটিকে ত্যাগ করবে, তা বলতে পারি না!’ যে যাকে ভালোবাসে বা ভক্তি করে, সে প্রেমাস্পদের ব্যবহৃত অতি সামান্য জিনিসটাকেও হৃদয়ে ধারণ করে। তাঁর ছোঁয়া ফুলটা বা কাপড়-চোপড়খানাও সে পবিত্র বলে মনে করে। তিনি যে জায়গা দিয়ে চলে যান, সেখানকার মাটিটাও তার কাছে বহু মূল্যবান ও বহু আদরের জিনিস বলে বোধ হয়। তবে তিনি যে শরীরটাতে অবস্থান করে তার পূজা গ্রহণ করেন ও তাকে কৃপা করেন, সেটার প্রতি যে তার শ্রদ্ধা-ভক্তি হবে—এটা কি আবার বুঝিয়ে বলতে হবে? যারা গুরুভাবটি কী তা-ই বোঝে না, তারাই এমন কথা বলে। আর যার গুরুভাবের প্রতি ঠিক ঠিক ভক্তি হবে, তার সেই ভাবের আধার গুরুর শরীরটার উপরেও ভক্তি-শ্রদ্ধার বিকাশ হবেই হবে। ঠাকুর এই বিষয়টি বিভীষণের ভক্তির দৃষ্টান্ত দিয়ে আমাদের বোঝাতেন। যেমন –
গুরুভক্তি-বিষয়ে ঠাকুরের উপদেশ—বিভীষণের গুরুভক্তির কথা
শ্রীরামচন্দ্রের মানবলীলাসংবরণের অনেক কাল পরে কোনো এক সময়ে নৌকাডুবি হয়ে একজন মানুষ সমুদ্রতরঙ্গে ছিটকে লঙ্কার উপকূলে এসে পড়ল। বিভীষণ অমর, তিন কালই তিনি লঙ্কায় রাজত্ব করছেন—তাঁর কাছে সেই সংবাদ পৌঁছল। সভার অনেক রাক্ষসের সুকোমল মানবদেহরূপ খাদ্য আসার খবরে জিভে জল এল। রাজা বিভীষণের কিন্তু সেই সংবাদ শুনে এক অপূর্ব ভাবান্তর দেখা দিল। তিনি গলদশ্রুলোচনে ভক্তি-গদ-গদ বাক্যে বার বার বলতে লাগলেন, ‘অহো ভাগ্য!’ রাক্ষসেরা তাঁর ভাব বুঝতে না পেরে সকলে একেবারে অবাক! তারপর বিভীষণ তাদের বুঝিয়ে বলতে লাগলেন, ‘যে মানবশরীর আমার রামচন্দ্র ধারণ করে লঙ্কায় পদার্পণ করেছিলেন ও আমাকে কৃতার্থ করেছিলেন, বহুকাল পরে আজ আবার সেই মানবশরীর দেখতে পাব—এ কি কম ভাগ্যের কথা! আমার মনে হচ্ছে যেন সাক্ষাৎ রামচন্দ্রই আবার সেই রূপে এসেছেন!’ এই বলে রাজা পাত্র-মিত্র সভাসদ সকলকে সঙ্গে নিয়ে সমুদ্রের উপকূলে এসে উপস্থিত হলেন, এবং বহু সম্মান ও আদর করে সেই মানুষটিকে প্রাসাদে নিয়ে গেলেন। পরে তাকেই সিংহাসনে বসিয়ে নিজে সপরিবারে অনুগত দাসভাবে তার সেবা ও বন্দনাদি করতে লাগলেন! এভাবে কিছুদিন তাকে লঙ্কায় রেখে নানা ধনরত্ন উপহার দিয়ে সজলনয়নে বিদায় দিলেন, এবং অনুচরদের দিয়ে বাড়ি পৌঁছে দিলেন।
ঠিক ঠিক ভক্তিতে অতি তুচ্ছ বিষয়েও ঈশ্বরের উদ্দীপন হয়। ‘এই মাটিতে খোল হয়!’—বলেই শ্রীচৈতন্যের ভাব
গল্পটি বলে ঠাকুর আবার বলতেন, “ঠিক ঠিক ভক্তি হলে এইরূপ হয়। সামান্য জিনিস হতেও তার ঈশ্বরের উদ্দীপনা হয়ে ভাবে বিভোর হয়। শুনিসনি—‘এই মাটিতে খোল হয়’ বলে চৈতন্যদেবের ভাব হয়েছিল? এক সময়ে এক জায়গা দিয়ে যেতে যেতে তিনি শুনলেন যে সেই গ্রামে হরিসংকীর্তনের সময় যে খোল বাজে লোকে সেই খোল তৈয়ার ও তা বিক্রয় করে দিনপাত করে। শুনেই তিনি বলে উঠলেন, ‘এই মাটিতে খোল হয়!’ —বলেই ভাবে বাহ্যজ্ঞানশূন্য হলেন! কেন না, উদ্দীপনা হলো; ‘এই মাটিতে খোল হয়, সেই খোল বাজিয়ে হরিনাম হয়, সেই হরি সকলের প্রাণের প্রাণ—সুন্দরের চাইতেও সুন্দর।’ —একেবারে এত কথা মনে হয়ে হরিতে চিত্ত স্থির হয়ে গেল। সেই রকম যার গুরুভক্তি হয় তার গুরুর আত্মীয়-কুটুম্বদের দেখলে তো গুরুর উদ্দীপনা হবেই, যে গ্রামে গুরুর বাড়ি সে গ্রামের লোকদের দেখলেও ঐরূপ উদ্দীপনা হয়ে তাদের প্রণাম করে, পায়ের ধুলো নেয়, খাওয়ায় দাওয়ায় সেবা করে! এই অবস্থা হলে গুরুর দোষ আর দেখতে পাওয়া যায় না। তখনই এ কথা বলা চলে –
‘যদ্যপি আমার গুরু শুঁড়ীবাড়ি যায়।
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়॥’[3]
নইলে মানুষের তো দোষ-গুণ আছেই। সে তার ভক্তিতে কিন্তু তখন আর মানুষকে মানুষ দেখে না, ভগবান বলেই দেখে! যেমন ন্যাবা-লাগা চোখে সব হলুদবর্ণ দেখে—সেই রকম; তখন তার ভক্তি তাকে দেখিয়ে দেয় যে, ঈশ্বরই সব—তিনিই গুরু, পিতা, মাতা, মানুষ, গরু, জড়, চেতন সব হয়েছেন।”
দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর একজন সরল উদ্ধত যুবক ভক্তকে[4] একটি বিষয় বলছিলেন, আর সে তা নিয়ে নানা আপত্তিতর্ক তুলছিল! ঠাকুর তিন-চার বার তাকে সেই বিষয়টি বললেও যখন সে বিচার করতে লাগল, তখন ঠাকুর তাকে সুমিষ্ট ভর্ৎসনা করে বললেন, “তুমি কেমন গো? আমি বলচি আর তুমি কথাটা নিচ্চ না!” যুবকের এবার ভালোবাসায় হাত পড়ল। সে বলল, “আপনি যখন বলছেন তখন নিলুম বই কি। আগেকার কথাগুলো তর্কের খাতিরে বলেছিলাম।”
অর্জুনের গুরুভক্তির কথা
ঠাকুর শুনে প্রসন্নমুখে হাসতে হাসতে বললেন, “গুরুভক্তি কেমন জান? গুরু যা বলবে তা তখনি দেখতে পাবে—সে ভক্তি ছিল অর্জুনের। একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে বেড়াতে বেড়াতে আকাশের দিকে চেয়ে বললেন, ‘দেখ সখা, কেমন এক ঝাঁক পায়রা উড়ছে।’ অর্জুন অমনি দেখে বললেন, ‘হাঁ সখা, অতি সুন্দর পায়রা!’ পরক্ষণেই শ্রীকৃষ্ণ আবার দেখে বললেন, ‘না সখা, ও তো পায়রা নয়!’ অর্জুন দেখে বললেন, ‘তাই তো সখা, ও পায়রা নয়।’ কথাটি এখন বোঝ—অর্জুন মহা সত্যনিষ্ঠ, তিনি তো আর কৃষ্ণের খোশামোদ করে ওরকম বললেন না? কিন্তু শ্রীকৃষ্ণের কথায় তাঁর এত বিশ্বাস-ভক্তি যে, যেমন যেমন শ্রীকৃষ্ণ বললেন অর্জুনও তখন ঠিক ঠিক তা দেখতে পেলেন!”
ঈশ্বরীয় ভাবরূপে গুরু এক। তবু নিজ গুরুতে ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠা চাই। এ বিষয়ে হনুমানের কথা
শাস্ত্র যাঁকে অজ্ঞানান্ধকার-দূরীকরণসমর্থ গুরু বলেছেন, তা পূর্বোক্তভাবে ঐশ্বরিক ভাববিশেষ বলে নির্ণীত হলে সঙ্গে সঙ্গে আর একটি কথাও সত্য বলে স্বীকার করতে হয়। তা এই—গুরু অনেক নন, এক। আধার বা যে যে শরীর অবলম্বন করে ঈশ্বরের এই ভাব প্রকাশিত হয়, তা ভিন্ন ভিন্ন হলেও তোমার গুরু, আমার গুরু পৃথক নন—ভাবরূপে এক। মৃন্ময় মূর্তিতে দ্রোণকে আচার্যরূপে গ্রহণ করে একলব্য ভক্তিভরে ধনুর্বেদ লাভ করেছিলেন—মহাভারতের এই কথাটি এরই দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে। অবশ্য এ কথাটি যুক্তিতে দাঁড়ালেও ঠিক ঠিক হৃদয়ঙ্গম হওয়া অনেক সময় ও সাধন-সাপেক্ষ, এবং হৃদয়ঙ্গম হলেও যতক্ষণ মানুষের নিজের দেহবোধ থাকে, ততক্ষণ যে শরীরের ভিতর দিয়ে গুরুশক্তি তাঁকে কৃপা করেন, সেই শরীর অবলম্বন করেই শ্রীগুরুর পূজা করা ছাড়া উপায়ান্তর নেই। ঠাকুর এই কথাটির দৃষ্টান্তে নিষ্ঠা-ভক্তির জ্বলন্ত নিদর্শন হনুমানের কথা আমাদের বলতেন। যেমন –
লঙ্কাসমরে শ্রীরামচন্দ্র ও তাঁর ভ্রাতা লক্ষ্মণ কোনো এক সময়ে মহাবীর মেঘনাদের হাতে নাগপাশে আবদ্ধ হলেন, এবং তা থেকে মুক্তি পাওয়ার জন্য নাগকুলের চিরশত্রু গরুড়কে স্মরণ করে আনলেন। গরুড়কে দেখামাত্র নাগকুল ভয়ত্রস্ত হয়ে যে যেদিকে পারল পালাল। রামচন্দ্রও নিজের ভক্ত গরুড়ের প্রতি প্রসন্ন হয়ে গরুড়ের চিরকালপূজিত ইষ্টমূর্তি বিষ্ণুরূপে তার সামনে আবির্ভূত হলেন ও তাকে বুঝিয়ে দিলেন—যিনি বিষ্ণু তিনিই তখন রামরূপে অবতীর্ণ! হনুমানের কিন্তু শ্রীরামচন্দ্রকে এভাবে বিষ্ণুমূর্তি পরিগ্রহ করতে দেখা ভালো লাগল না; কতক্ষণে তিনি আবার রামরূপ পরিগ্রহ করবেন, হনুমান এই কথাই ভাবতে লাগলেন। হনুমানের এই মনোভাব বুঝতে রামচন্দ্রের দেরি হল না। তিনি গরুড়কে বিদায় দিয়েই আবার রামরূপ পরিগ্রহ করে হনুমানকে জিজ্ঞাসা করলেন, “বৎস, আমার বিষ্ণুরূপ দেখে তোমার এমন ভাবান্তর হল কেন? তুমি মহাজ্ঞানী, তোমার তো আর জানতে ও বুঝতে বাকি নেই যে, যে রাম সেই বিষ্ণু?” হনুমান তা শুনে বিনীতভাবে উত্তর দিলেন, “সত্য বটে, এক পরমাত্মাই উভয় রূপ পরিগ্রহ করেছেন, এবং সেজন্য শ্রীনাথ ও জানকীনাথে কোনো প্রভেদ নেই, কিন্তু তবুও আমার প্রাণ সতত জানকীনাথেরই দর্শন চায়—কারণ তিনিই আমার সর্বস্ব! ওই মূর্তির ভিতর দিয়েই আমি ভগবানের প্রকাশ দেখে কৃতার্থ হয়েছি –
“শ্রীনাথে জানকীনাথে অভেদঃ পরমাত্মনি।
তথাপি মম সর্বস্বঃ রামঃ কমললোচনঃ॥”
সকল মানবেই গুরুভাব সুপ্তভাবে বিদ্যমান
এভাবে গুরুভাবটি শ্রীশ্রীজগন্মাতার শক্তিবিশেষ বলে, এবং সেই শক্তি সকল মানবমনেই সুপ্ত বা ব্যক্তভাবে নিহিত রয়েছে বলেই, গুরুভক্তিপরায়ণ সাধক শেষে এমন এক অবস্থায় উপনীত হন যে, তখন এই শক্তি তাঁর নিজের ভিতর দিয়ে প্রকাশিত হয়ে ধর্মের জটিল নিগূঢ় তত্ত্বগুলি তাঁকে বুঝিয়ে দিতে থাকে। তখন সাধককে আর বাইরের কাউকে জিজ্ঞাসা করে ধর্মবিষয়ক কোনো সন্দেহ ভঞ্জন করে নিতে হয় না। গীতায় শ্রীভগবান অর্জুনকে বলেছেন –
যদা তে মোহকলিলং বুদ্ধির্ব্যতিতরিষ্যতি।
তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ॥
– গীতা, ২/৫২
যখন তোমার বুদ্ধি অজ্ঞান-মোহ থেকে বিমুক্ত হবে, তখন আর এটা শোনা উচিত, ওটা শাস্ত্রে আছে ইত্যাদি কথায় আর তোমার প্রয়োজন থাকবে না, তুমি এসবের পারে চলে গিয়ে নিজেই তখন সব বুঝতে পারবে; সাধকের তখন এমন অবস্থা আসে।
ঠাকুরের কথা “শেষে মনই গুরু হয়”
ঠাকুর এই অবস্থাকে লক্ষ্য করেই বলতেন, “শেষে মনই গুরু হয় বা গুরুর কাজ করে। মানুষ গুরু মন্ত্র দেয় কানে, (আর) জগদ্গুরু মন্ত্র দেয় প্রাণে।” কিন্তু সে মন আর এ মনে অনেক প্রভেদ। সে সময় মন শুদ্ধসত্ত্ব পবিত্র হয়ে ঈশ্বরের উচ্চ শক্তিপ্রকাশের যন্ত্রস্বরূপ হয়, আর এ সময়ে মন ঈশ্বর থেকে বিমুখ হয়ে ভোগসুখ ও কামক্রোধাদিতেই মেতে থাকতে চায়।
“গুরু যেন সখী”
ঠাকুর বলতেন, “গুরু যেন সখী—যতদিন না শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলন হয়, ততদিন সখীর কাজের বিরাম নেই, তেমনই যতদিন না ইষ্টের সঙ্গে সাধকের মিলন হয় ততদিন গুরুর কাজের শেষ নেই। এভাবে মহামহিমান্বিত শ্রীগুরু জিজ্ঞাসু ভক্তের হাত ধরে উচ্চ থেকে উচ্চতর ভাবরাজ্যে আরোহণ করেন এবং পরিশেষে তাকে ইষ্টমূর্তির সামনে এনে বলেন, ‘ও শিষ্য, ওই দেখ!’ এই বলেই অন্তর্হিত হন।”
“গুরু শেষে ইষ্টে লয় হন; গুরু, কৃষ্ণ, বৈষ্ণব—তিনে এক, একে তিন”
ঠাকুরকে একদিন এমন কথা বলতে শুনে একজন অনুগত ভক্ত ‘শ্রীগুরুর সঙ্গে বিচ্ছেদ তবে তো একদিন অনিবার্য’ ভেবে ব্যথিত হৃদয়ে জিজ্ঞাসা করলেন—“গুরু তখন কোথায় যান, মশাই?” ঠাকুর উত্তরে বললেন, “গুরু ইষ্টে লয় হন। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব—তিনে এক, একে তিন।”
[1] বাস্তবিকই, বেশি পরিমাণে সিদ্ধি খেলে যেমন নেশা হয়, তখন তেমনি একটা নেশার ঘোর লাগত। কারও কারও পা-ও টলতে দেখেছি। ঠাকুরের নিজের তো কথাই ছিল না। সেই নেশার ঝোঁকে পা এমন টলত যে, তখন আমাদের কাউকে ধরে চলতে হত। লোকে মনে করত, বিপরীত নেশা করেছেন।
[2] পরে একদিন ঠাকুর এঁদেরও ওইভাবে স্পর্শ করেছিলেন।
[3] অর্থাৎ নিত্যানন্দস্বরূপ শ্রীভগবান বা ঈশ্বর।
[4] শ্রীযুত বৈকুণ্ঠনাথ সান্যাল।
অবজানন্তি মাং মূঢ়া মানুষীং তনুমাশ্রিতম্।
পরং ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম্॥
– গীতা, ৯।১১
বাল্যাবস্থা থেকেই গুরুভাবের পরিচয় ঠাকুরের জীবনে পাওয়া যায়
ঠাকুরের ভিতরে গুরুভাবের প্রকাশ বাল্যকাল থেকেই দেখা যায়। তবে যৌবনে নির্বিকল্প-সমাধিলাভের পর এই ভাবের যে পূর্ণ বিকাশ হয়েছিল, তাও স্বীকার করতে হয়। বাল্যকাল থেকে তাঁর মধ্যে এই ভাবের প্রকাশ ছিল, এ কথা বলায় কেউ যেন মনে না করেন যে, আমরা ঠাকুরকে বাড়াবার জন্য কথাটি অতিরঞ্জিত করে বলছি। যথার্থ নিরপেক্ষভাবে কেউ যদি ঠাকুরের জীবন আলোচনা করেন, তাহলে দেখতে পাবেন, সে দোষে কখনোই তাঁকে লিপ্ত হতে হবে না। এ অদ্ভুত অলৌকিক জীবনের ঘটনাবলি যিনি যতদূর পারেন বিচার করে দেখুন না কেন, দেখবেন বিচারশক্তিই পরিশেষে হার মেনে স্তম্ভিত ও মুগ্ধ হয়ে আছে! আমাদের মনও বড় কম সন্দিগ্ধ ছিল না; আমাদের মধ্যে অনেকেই ঠাকুরকে যেভাবে যাচিয়ে বাজিয়ে নিয়েছেন, তেমনটা করার কথা এখনকার কারও মন-বুদ্ধিতে উঠবেই না বলে আমাদের বোধ হয়। এভাবে ঠাকুরকে সন্দেহ করা এবং পরীক্ষা করতে গিয়ে নিজেই পরাজিত হয়ে লজ্জায় অধোবদন হওয়া আমাদের মধ্যে কতবার কত লোকেরই ভাগ্যে যে ঘটেছে, তা বলা যায় না। ‘লীলাপ্রসঙ্গে’ এ বিষয়ের আভাস আমরা আগেই পাঠককে কিছু কিছু দিয়েছি, পরে আরও অনেক দিতে হবে। পাঠক তখন নিজেই বুঝে নেবেন; এজন্য এ বিষয়ে এখন আর বেশি বলার আবশ্যকতা নেই।
“আগে ফল, তারপর ফুল।” সকল অবতারপুরুষের জীবনেই এই ভাব
“আগে ফল, তারপর ফুল—যেমন লাউ-কুমড়ার”—ঠাকুর এ কথাটি নিত্যমুক্ত ঈশ্বরকোটিদের জীবনপ্রসঙ্গে সর্বদাই ব্যবহার করতেন। অর্থ—এমন পুরুষেরা জগতে এসে কোনো বিষয়ে সিদ্ধ হওয়ার জন্য যা কিছু সাধন করেন, তা কেবল সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে, সেই বিষয়ে তেমন ফল লাভ করতে হলে এইরকম চেষ্টা তাদের করতে হবে। কারণ এমন পুরুষদের জীবনালোচনা করলে দেখা যায়, যে জ্ঞানলাভের জন্য তাঁরা জীবনে এতটা চেষ্টা দেখান, সেই জ্ঞান আজীবন থাকলে সব কাজ যেভাবে করা যায়, এই সব পুরুষেরা বাল্যকাল থেকে সর্বত্রই সব বিষয়ে ঠিক তেমন ব্যবহারই করে এসেছেন। যেন সেই জ্ঞানলাভ করার ফল তাঁরা আগে থেকেই নিজস্ব করে রেখেছেন। নিত্যমুক্তদের সম্বন্ধেই যখন এ কথা সত্য, তখন ঈশ্বরাবতারদের তো কথাই নেই। তাঁদের জীবনে এমন জ্ঞানের প্রকাশ আজীবনই দেখা যায়। সকল দেশের সকল যুগের ঈশ্বরাবতারদের সম্বন্ধেই শাস্ত্র এ কথা সত্য বলে লিপিবদ্ধ করে রেখেছে। আবার এও দেখা যায় যে, ভিন্ন ভিন্ন যুগের ঈশ্বরাবতারদের অনেক ব্যবহারের মধ্যে একটা সৌসাদৃশ্য আছে। যেমন—স্পর্শ দিয়ে ধর্মজীবন-সঞ্চারের কথা যীশু, শ্রীচৈতন্য ও শ্রীরামকৃষ্ণ সকলের জীবনেই দেখতে পাই। তেমনই, তাঁদের জন্মগ্রহণের সময় বিশেষ বিশেষ ধর্মপরায়ণ ব্যক্তির অলৌকিক উপায়ে তা জানতে পারার কথা, বাল্যকাল থেকে তাঁদের ভিতর গুরুভাব প্রকাশিত থাকার কথা, তাঁরা যে সাধারণ মানুষকে উন্নত করার জন্য বিশেষ বিশেষ পথ দেখাতে কৃপায় অবতীর্ণ, এ বিষয়টি বাল্যকাল থেকে উপলব্ধি করার কথা প্রভৃতি অনেক কথাই একই রকম দেখা যায়। অতএব ঠাকুরের জীবনে বাল্যকাল থেকে গুরুভাব প্রভৃতির প্রকাশ থাকার কথা শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ ‘অবতার’-পুরুষদের থাক বা শ্রেণিই পৃথক। সাধারণ মানুষের জীবনে এমন ঘটনা কখনও সম্ভব নয় বলে অবতারপুরুষদের জীবনেও তেমন হওয়া অসম্ভব মনে করলে বিষম ভ্রমে পড়তে হবে।
ঠাকুরের জীবনে গুরুভাবের প্রথমবিকাশ—কামারপুকুরে
ঠাকুরের জীবনে গুরুভাবের প্রথম জ্বলন্ত নিদর্শন দেখতে পাই তাঁর জন্মভূমি কামারপুকুরে। তাঁর তখন উপনয়ন হয়ে গেছে; অতএব বয়স ৯।১০ বছর হবে।
লাহাবাবুদের বাড়িতে পণ্ডিত-সভায় শাস্ত্র-বিচার
গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়িতে শ্রাদ্ধ উপলক্ষে সেই অঞ্চলের খ্যাতনামা পণ্ডিতবর্গের নিমন্ত্রণ হয়েছিল, এবং অনেক পণ্ডিতের একসঙ্গে সমাবেশ হলে যা হয়—খুব তর্কের হুড়োহুড়ি পড়ে গেল। অনেক তর্কেও শাস্ত্রের একটি বিশেষ প্রশ্নের কোনো মীমাংসা হচ্ছিল না, এমন সময়ে বালক শ্রীরামকৃষ্ণ বা গদাধর পরিচিত একজন পণ্ডিতকে বললেন, “কথাটার এই ভাবে মীমাংসা হয় না কি?” সভায় পাড়ার অনেক বালকই কৌতূহলের টানে এসেছিল, এবং পণ্ডিতেরা নানারকম অঙ্গভঙ্গি করে উচ্চস্বরে যে বাগ্যুদ্ধ চালাচ্ছিলেন, তার বিন্দুমাত্র অর্থ বুঝতে না পারায় কেউ বা সেটাকে একটা রঙ্গরস ভেবে হাসছিল, কেউ বা বিরক্ত হয়ে পণ্ডিতদের অঙ্গভঙ্গি অনুকরণ করে সোরগোল করছিল, আবার কেউ বা একেবারে অন্যমনস্ক হয়ে নিজেদের খেলাতেই মন দিয়েছিল। কাজেই এ অপূর্ব বালক যে পণ্ডিতদের সব কথা ধৈর্য ধরে শুনেছে, বুঝেছে এবং মনে মনে ভেবে একটা সুমীমাংসায় পৌঁছেছে, এই ভেবে পণ্ডিতটি প্রথমে অবাক হলেন; তারপর নিজের পরিচিত পণ্ডিতদের কাছে গদাধরের মীমাংসার কথা বলতে লাগলেন; তারপর তাঁরা সকলে সেটিকেই সে বিষয়ের একমাত্র মীমাংসা বলে বুঝে অন্য সব পণ্ডিতকে তা বুঝিয়ে বললেন। তখন সেই প্রশ্নের এটিই যে একমাত্র সমাধান, তা সকলেই একবাক্যে স্বীকার করলেন, এবং কার তীক্ষ্ণ বুদ্ধি এই অপূর্ব সমাধান প্রথম দেখতে পেল, তারই খোঁজ করতে লাগলেন; এবং যখন নিশ্চিত জানতে পারলেন, সমাধানটি বালক গদাধরই করেছে, তখন কেউ বা প্রায় স্তম্ভিত হয়ে বালককে দৈবশক্তিসম্পন্ন ভেবে তার দিকে চেয়ে রইলেন, আবার কেউ বা আনন্দে ভরে উঠে বালককে কোলে তুলে আশীর্বাদ করতে লাগলেন!
ঈশার জীবনে এইরকম ঘটনা। জেরুজালেমের য়্যাভে-মন্দির
কথাটির আর একটু আলোচনা আবশ্যক। ক্রিশ্চান ধর্ম-প্রবর্তক ভগবদবতার ঈশার জীবনেও ঠিক এইরকম একটি কথা বাইবেলে[1] লিপিবদ্ধ আছে। তাঁর বয়স তখন বারো বছর। তাঁর দরিদ্র ধর্মপরায়ণ পিতামাতা ইয়ুসুফ ও মেরি সে বছর তাঁকে নিয়ে অন্য যাত্রীদের সঙ্গে হেঁটে নিজেদের বাসভূমি গ্যালিলি প্রদেশের নাজারেথ্ নামের গণ্ডগ্রাম থেকে জেরুজালেম তীর্থের সুবিখ্যাত মন্দিরে দেবদর্শন করতে ও পূজা বলি ইত্যাদি দিতে যাত্রা করেছিলেন। ইহুদিদের এই তীর্থ হিন্দুদের তীর্থগুলির মতোই ছিল। এখানে সুবর্ণকৌটায় য়াভে দেবতার আবির্ভাব ভক্ত-সাধক প্রত্যক্ষ করে নিজেকে কৃতার্থ জ্ঞান করত; এবং তার সামনে একটি বেদির উপর ধূপ-ধুনো জ্বালিয়ে পত্র-পুষ্প-ফল-মূল ও মেষ পায়রা প্রভৃতি পশুপক্ষী বলি দিয়ে সেই দেবতার পূজা করত। হিন্দুদের ৺কামাখ্যা পীঠ ও ৺বিন্ধ্যবাসিনী প্রভৃতি তীর্থে পায়রা প্রভৃতি পাখি বলি দেওয়া আজও প্রচলিত।
সেকালের ইহুদি তীর্থযাত্রী
ইয়ুসুফ ও মেরি শাস্ত্রানুসারে দর্শন, পূজা, বলি ও হোমাদি ক্রিয়া সম্পন্ন করে সঙ্গীদের সঙ্গে নিজেদের গ্রামের দিকে ফিরলেন। সে সময়ে নানা দিগ্দেশ থেকে জেরুজালেম দর্শনে আসা যাত্রীদের অবস্থা অনেকটা, রেল হওয়ার আগে হেঁটে ৺পুরী প্রভৃতি তীর্থদর্শনে যাওয়া যাত্রীদের মতোই ছিল। সেই মধ্যে মধ্যে বৃক্ষ-কূপ-তড়াগাদিশোভিত একই রকম দীর্ঘ পথ, সেই মধ্যে মধ্যে বিশ্রামস্থান, চটী বা সরাই—ধর্মশালারও অভাব ছিল না শোনা যায়—সেই তীর্থযাত্রীর সহচর পাণ্ডা, সেই চাল-ডাল-আটা প্রভৃতি নিতান্ত দরকারি খাবারদাবার পাওয়ার জায়গা মুদির দোকান, সেই ধুলো, সেই ধর্মভাব-বিস্মরণকারী নিদ্রালস্যের বৈরী, যাত্রীদের পরমবন্ধু মশককুল, সেই বিশেষ বিশেষ অঞ্চলের যাত্রীদের দস্যু-তস্করের হাত থেকে বাঁচতে পরস্পরের সাহায্য পাবে বলে দলবদ্ধ হয়ে চলা, এবং পরিশেষে সেই যাত্রীদের একান্ত ঈশ্বরনির্ভরতা ও ভগবদ্ভক্তি।
য়্যাভে-মন্দিরে ঈশার শাস্ত্রব্যাখ্যা
ঈশার পিতা-মাতা নিজেদের দলের সঙ্গে ফেরার সময় ঈশাকে কাছে দেখতে না পেয়ে ভাবলেন, বোধ হয় অন্য কোনো যাত্রীবালকের সঙ্গে দলের পিছনে আসছে। কিন্তু অনেক দূর চলে এসেও যখন ঈশাকে দেখতে পেলেন না, তখন বিশেষ চিন্তিত হয়ে তন্নতন্ন করে দলের মধ্যে খুঁজে দেখলেন, ঈশা তাঁদের সঙ্গে নেই। কাজেই ব্যাকুল হয়ে আবার জেরুজালেমের দিকে ফিরলেন। সেখানে নানা জায়গায় খোঁজ করতে গিয়ে দেখলেন, বালক ঈশা শাস্ত্রজ্ঞ সাধককুলের মধ্যে বসে শাস্ত্রবিচার করছে এবং শাস্ত্রের জটিল প্রশ্নগুলির (যা পণ্ডিতেরাও সমাধান করতে পারছেন না) অপূর্ব ব্যাখ্যা করে সকলকে মোহিত করছে।
পণ্ডিত মোক্ষমূলরের মত খণ্ডন
পণ্ডিত মোক্ষমূলর তাঁর লেখা শ্রীরামকৃষ্ণজীবনীতে শ্রীরামকৃষ্ণের সেই বাল্যলীলার সঙ্গে ঈশার বাল্যলীলার সৌসাদৃশ্য পেয়ে ঘটনাটির সত্যতায় বিশেষ সন্দিহান হয়েছেন। শুধু তাই নয়, একটু কটাক্ষ করেও বলেছেন যে, শ্রীরামকৃষ্ণের ইংরেজিবিদ্যায় অভিজ্ঞ শিষ্যেরা গুরুর মান বাড়াবার জন্য ঈশার বাল্যলীলার কথাটি শ্রীরামকৃষ্ণের সঙ্গে ইচ্ছা করেই জুড়ে দিয়েছেন। পণ্ডিত এভাবে নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেও আমরা নাচার, কারণ শ্রীরামকৃষ্ণের এই বাল্যলীলার কথা আমরা ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের অনেক বৃদ্ধের মুখে শুনেছি, এবং ঠাকুরও কখনও কখনও তা আমাদের কারও কারও কাছে নিজমুখে বলেছেন। এই পর্যন্ত বলেই এখানে ক্ষান্ত থাকা ভালো।
ঠাকুর বিবাহ করলেন কেন? আত্মীয়দের অনুরোধে?—না
ঠাকুরের জীবনালোচনা করতে গিয়ে সকলেরই মনে হয়—ঠাকুরের বিবাহ হল কেন? স্ত্রীর সঙ্গে যাঁর কোনোকালেই শরীরসম্বন্ধ রাখার সংকল্প ছিল না, তিনি কেন বিবাহ করলেন, এর কারণ বাস্তবিকই খুঁজে পাওয়া ভার। যদি বলো, যৌবনে পদার্পণ করেই ঠাকুর ‘ভগবান’ ‘ভগবান’ করে উন্মাদপ্রায় হলেন বলেই আত্মীয়েরা জোর করে বিবাহ দিলেন, তার উত্তরে আমরা বলি, ওটা একটা কথাই নয়। জোর করে একটা ছোট কাজও তাঁকে দিয়ে ছেলেবেলা থেকে কেউ করাতে পারেনি। যখন যা করবেন মনে করেছেন, তা কোনো না কোনো উপায়ে অবশ্যই করে ছেড়েছেন। উপনয়নের সময় ধনী নামে একজন কামারজাতীয়া কন্যাকে ভিক্ষামাতা করাটাই দেখো না। কামারপুকুরে কলিকাতার মতো সমাজবন্ধন শিথিল ছিল না যে, যার যা ইচ্ছা তাই করবে; ঠাকুরের পিতামাতাও কম স্বধর্মনিষ্ঠ ছিলেন না, বংশগত প্রথাও ছিল—কোনো না কোনো ব্রাহ্মণকন্যাকে ভিক্ষামাতা করা; এবং বালক গদাধরের অভিভাবকেরা সকলেই কামারকন্যার কাছ থেকে বালকের প্রথম ভিক্ষা নেওয়ার বিরোধী ছিলেন। তবু কেবলমাত্র গদাধরের নির্বন্ধে ধনীর ভিক্ষামাতা হওয়া সাব্যস্ত হল—এটি কম আশ্চর্যের বিষয় নয়! এভাবে সব ঘটনায় যখন দেখতে পাই, ঠাকুরের ইচ্ছা ও কথাই সব বিষয়ে অন্য সকলের বিপরীত ভাব ও ইচ্ছাকে চিরকাল ফিরিয়ে দিয়েছে, তখন কেমন করে বলি, তাঁর জীবনের অত বড় ঘটনাটা আত্মীয়দের ইচ্ছা ও অনুরোধের জোরে হয়েছে?
ভোগবাসনা ছিল বলে?—না
আবার, যদি বলো, ঈশ্বরের প্রতি অনুরাগে সর্বস্বত্যাগের ভাবটা যে ঠাকুরের আজীবন ছিল, এ কথাটা স্বীকার করার দরকার কী? সে কথাটা স্বীকার না করে যদি বলো যে, সাধারণ মানুষের মতো ঠাকুরেরও বিবাহাদি করে সংসারসুখ ভোগ করার ইচ্ছাটা প্রথম প্রথম ছিল, কিন্তু যৌবনে পদার্পণ করেই তাঁর মনের গতিতে হঠাৎ একটা আমূল পরিবর্তন দেখা দিল; সংসার-বৈরাগ্য ও ঈশ্বরানুরাগের একটা প্রবল ঝটিকা তাঁর প্রাণে বয়ে গিয়ে তাঁকে এমন আত্মহারা করে ফেলল যে, তাঁর আগেকার বাসনাগুলি একেবারে চিরকালের মতো কোথায় উড়ে গেল। ঠাকুরের বিবাহটা সেই বিরাগ-অনুরাগের ঝড়টা বওয়ার আগেই হয়েছিল বললেই তো সব কথা মিটে যায়! আমরা বলি—কথাটি আপাতদৃষ্টিতে বেশ যুক্তিযুক্ত বলে বোধ হলেও সে সম্বন্ধে কতকগুলি অখণ্ডনীয় আপত্তি আছে। প্রথম—চব্বিশ বছর বয়সে ঠাকুরের বিবাহ হয়, তখন বৈরাগ্যের ঝড় তাঁর প্রাণে তুমুল বইছে। আর, আজীবন যিনি নিজের জন্য কাউকে এতটুকু কষ্ট দিতে কুণ্ঠিত হতেন, তিনি যে কিছুমাত্র না ভেবে একজন পরের মেয়ের চিরকাল দুঃখ-ভোগের সম্ভাবনা বুঝেও সে কাজে এগিয়ে গেলেন, এ হতেই পারে না। দ্বিতীয়—ঠাকুরের জীবনের কোনো ঘটনাই যে নিরর্থক হয়নি, এ কথা আমরা যতই বিচার করে দেখি ততই বুঝতে পারি। তৃতীয়—তিনি ইচ্ছা করেই যে বিবাহ করেছিলেন, এ সুনিশ্চিত; কারণ বিবাহের পাত্রী খোঁজার সময় নিজের ভাগনে হৃদয় ও বাড়ির অন্য সকলকে তিনি বলে দিয়েছিলেন যে, তাঁর বিবাহ জয়রামবাটীনিবাসী শ্রীযুত রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সঙ্গে হবে—এ আগে থেকেই স্থির হয়ে আছে।
বিবাহের পাত্রী-অন্বেষণের সময় ঠাকুরের কথা—“কুটো বেঁধে রাখা আছে, দেখ্ গে যা।” অতএব স্বেচ্ছায় বিবাহ করা
কথাটি শুনে পাঠক অবাক হবে, অথবা অবিশ্বাস করে বলবে—“কেবলই অদ্ভুত কথার অবতারণা! বিংশ শতাব্দীতে ও-সব কথা কি চলে?” তার উত্তরে আমাদের বলতে হয়, “তুমি বিশ্বাস করো আর না-ই করো বাপু, কিন্তু ঘটনা বাস্তবিকই এরকম হয়েছিল। এখনও অনেকে বেঁচে আছেন যাঁরা এ বিষয়ে সাক্ষ্য দেবেন। খোঁজ করে দেখোই না কেন?” পাত্রীর খোঁজে যখন কোনোটিই আত্মীয়দের মনের মতো হচ্ছিল না, তখন ঠাকুর স্বয়ং বলে দিলেন “অমুক গাঁয়ের অমুকের মেয়েটি কুটো বেঁধে[2] রাখা আছে, দেখগে যা!” অতএব বোঝাই যাচ্ছে, ঠাকুর জানতে পেরেছিলেন, তাঁর বিবাহ হবে এবং কোথায় কার কন্যার সঙ্গে হবে। তিনি তাতে কোনো আপত্তিও করেননি। অবশ্য এ কথা তিনি জানতে পেরেছিলেন ভাবসমাধির সময়েই।
প্রারব্ধ কর্ম-ভোগের জন্যই কি ঠাকুরের বিবাহ?
তবে ঠাকুরের বিবাহ হওয়ার অর্থ কী? শাস্ত্রজ্ঞ কোনো পাঠক এবার হয়তো বিরক্ত হয়ে বলবেন—তুমি তো বড় অর্বাচীন হে! সামান্য কথাটা নিয়ে এত গোল করছ? শাস্ত্র-টাস্ত্র একটু-আধটু দেখে সাধু-মহাপুরুষের জীবনের ঘটনা লিখতে কলম ধরতে হয়। শাস্ত্র বলেন—ঈশ্বরদর্শন বা পূর্ণজ্ঞান হলে জীবের সঞ্চিত ও আগামী কর্মের ক্ষয় হয়, কিন্তু প্রারব্ধ কর্মের ভোগ জীবকে জ্ঞানলাভ হলেও এই দেহে করতে হয়। একটা ব্যাধের পিঠে-বাঁধা তূণে কতকগুলি তীর রয়েছে, হাতে একটি তীর এখনই ছুঁড়বে বলে নিয়েছে, আর একটি তীর গাছের উপর একটি পাখিকে লক্ষ্য করে সে এইমাত্র ছুঁড়েছে। এমন সময় ধরো, ব্যাধের মনে হঠাৎ বৈরাগ্যের উদয় হল, সে ভাবল আর হিংসা করবে না। হাতের তীরটি সে ফেলে দিল, পিঠের তীরগুলিও সেইরকমই ত্যাগ করল, কিন্তু যে তীরটি সে পাখিটাকে লক্ষ্য করে ছুঁড়ে ফেলেছিল, সেটাকে কি আর ফেরাতে পারে? পিঠের তীরগুলি যেন তার জন্মজন্মান্তরের সঞ্চিত কর্ম, আর হাতের তীরটি আগামী কর্ম, বা যে কর্মগুলির ফল সে এবার ভোগ করবে—এই উভয় কর্মই জ্ঞানলাভ হলে নাশ হয়। কিন্তু তার প্রারব্ধ কর্মগুলি হচ্ছে—যে তীরটি সে ছুঁড়ে ফেলেছে সেটির মতো, সেগুলির ফল ভোগ করতে হবেই হবে। শ্রীরামকৃষ্ণদেবের মতো মহাপুরুষেরা কেবল প্রারব্ধ কর্মগুলির ভোগই শরীরে করেন। এই ফলভোগ অবশ্যম্ভাবী; এবং তাঁরা বুঝতে বা জানতেও পারেন যে, তাঁদের প্রারব্ধ অনুসারে তাঁদের জীবনে কীরকম ঘটনাবলি আসবে। কাজেই নিজের বিবাহ কোন পাত্রীর সঙ্গে কোথায় হবে, শ্রীরামকৃষ্ণদেব যে এভাবে তা বলে দিয়েছিলেন, এ কিছু বিচিত্র নয়।
না—যথার্থ জ্ঞানী পুরুষের প্রারব্ধ ভোগ করা-না-করা ইচ্ছাধীন
এ কথার উত্তরে আমরা বলি—অবশ্য শাস্ত্রজ্ঞান সম্বন্ধে আমরা বাস্তবিকই নিতান্ত অনভিজ্ঞ। কিন্তু যতটুকু দেখেছি, তাতে যথার্থজ্ঞানী পুরুষকে প্রারব্ধ কর্মগুলিরও ফলভোগ করতে হয় না। কারণ সুখ-দুঃখাদি ভোগ করবে যে মন, সে মন যে তিনি চিরকালের জন্য ঈশ্বরে অর্পণ করেছেন—তাতে আর সুখ-দুঃখাদির স্থান কোথায়? তবে যদি বলো—তাঁর শরীরটায় প্রারব্ধ ভোগ হয়, তা-ই বা কী করে হবে? তিনি যদি ইচ্ছা করে অল্পমাত্র আমিত্ব কোনো বিশেষ কারণে—যেমন, পরোপকারাদির জন্য—রেখে দেন, তবেই তাঁর আবার শরীর-মনের উপলব্ধি হয় ও সঙ্গে সঙ্গে প্রারব্ধ কর্মের ভোগ হয়। অতএব যথার্থজ্ঞানী পুরুষ ইচ্ছা হলে প্রারব্ধ ভোগ বা ত্যাগ করতে পারেন; তাঁদের এমন ক্ষমতা আসে। সেজন্যই তাঁদের ‘লোকজিৎ’, ‘মৃত্যুঞ্জয়’, ‘সর্বজ্ঞ’ ইত্যাদি নামে অভিহিত করা হয়।
ঠাকুরের তো কথাই নেই; কারণ তাঁর কথা—“যে রাম, যে কৃষ্ণ, সে-ই ইদানীং রামকৃষ্ণ”
আর এক কথা—শ্রীরামকৃষ্ণদেবের নিজের অনুভব যদি বিশ্বাস করতে হয়, তাহলে তাঁকে আর জ্ঞানী পুরুষ বলা চলে না; সেই শ্রেণির মধ্যেই তাঁকে আর স্থান দেওয়া যায় না। কেননা, তাঁকে বারবার বলতে শুনেছি, “যে রাম, যে কৃষ্ণ, সে-ই ইদানীং রামকৃষ্ণ”, অর্থাৎ যিনি আগে রামরূপে এবং কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনিই বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণশরীরে অবস্থান করে অপূর্ব লীলার বিস্তার করছেন! কথাটি বিশ্বাস করলে তাঁকে নিত্যশুদ্ধ-বুদ্ধ-মুক্তস্বভাব ঈশ্বরাবতার বলেই স্বীকার করতে হয়। আর তা করলে, তাঁকে প্রারব্ধাদি কোনো কর্মেরই বশীভূত আর বলা চলে না। অতএব ঠাকুরের বিবাহ সম্বন্ধে অন্যরকম মীমাংসাই আমরা যুক্তিযুক্ত মনে করি এবং তা-ই এখানে বলব।
বিবাহের কথা নিয়ে ঠাকুরের রঙ্গরস
বিবাহের কথা আমাদের কাছে তুলে ঠাকুর অনেক সময় রঙ্গরসও করতেন। সেটিও বড় মধুর। দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন দুপুরে খেতে বসেছেন; কাছে শ্রীযুত বলরাম বসু ও আরও কয়েকজন ভক্ত বসে তাঁর সঙ্গে নানা কথা বলছেন। সেদিন শ্রীশ্রীমাতাঠাকুরানী কামারপুকুরে রওনা হয়েছেন কয়েক মাসের জন্য, কারণ ঠাকুরের ভাইপো রামলালের বিয়ে।
ঠাকুর— (বলরামবাবুকে লক্ষ্য করে) আচ্ছা, আবার বিয়ে কেন হলো বল দেখি? স্ত্রী আবার কিসের জন্য হলো? পরনের কাপড়ের ঠিক নেই—আবার স্ত্রী কেন?
বলরাম ঈষৎ হেসে চুপ করে আছেন।
ঠাকুর— ওঃ বুঝেছি; (থালা থেকে একটু ব্যঞ্জন তুলে ও বলরামকে দেখিয়ে) এই—এর জন্যে হয়েছে। নইলে কে আর এমন করে রেঁধে দিত বল? (বলরামবাবু প্রভৃতি ভক্তদের হাসি) হাঁ গো, কে আর এমন করে খাওয়াটা দেখত। ওরা সব আজ চলে গেল—(ভক্তেরা কে চলে গেল বুঝতে না পারায়) রামলালের খুড়ী গো; রামলালের বিয়ে হবে—তাই সব কামারপুকুরে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম, কিছুই মনে হলো না! সত্যি বলছি; যেন কে তো কে গেল! কিন্তু তারপর কে রেঁধে দেবে বলে ভাবনা হলো। কী জান? —সব রকম খাওয়া তো আর পেটে সয় না, আর সব সময় খাওয়ার হুঁশও থাকে না। ও (শ্রীশ্রীমা) বোঝে কী রকম খাওয়া সয়; এটা ওটা করে দেয়; তাই মনে হলো—কে করে দেবে!
দশ-প্রকারের সংস্কার পূর্ণ করার জন্যই সাধারণ আচার্যদের বিবাহ করা। ঠাকুরের বিবাহও কি সেজন্য?—না
দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বিবাহের কথা তুলে বললেন, “বিয়ে করতে কেন হয় জানিস? ব্রাহ্মণশরীরের দশ রকম সংস্কার আছে—বিবাহ তারই মধ্যে একটা। ঐ দশ রকম সংস্কার হলে তবে আচার্য হওয়া যায়।” আবার কখনও কখনও বলতেন, “যে পরমহংস হয়, পূর্ণ জ্ঞানী হয়, সে হাড়ী-মেথরের অবস্থা থেকে রাজা, মহারাজা, সম্রাটের অবস্থা পর্যন্ত সব ভুগে দেখে এসেছে। নইলে ঠিক ঠিক বৈরাগ্য আসবে কেন? যেটা দেখেনি (ভোগ করেনি), মন সেইটে দেখতে চাইবে ও চঞ্চল হবে—বুঝলে? ঘুঁটিটা সব ঘর ঘুরে তবে চিকে ওঠে—খেলার সময় দেখনি? সেই রকম।”
ধর্মাবিরুদ্ধ ভোগের সাহায্যে ত্যাগে পৌঁছানোর জন্যই হিন্দুর বিবাহ
সাধারণ গুরুদের বিবাহ করার এই কারণ ঠাকুর দেখালেও, ঠাকুরের নিজের বিবাহের বিশেষ কারণ যা আমরা বুঝতে পেরেছি, তা-ই এখন বলব। বিবাহটা ভোগের জন্য নয়—এ কথা শাস্ত্র আমাদের প্রতি পদে শিক্ষা দিচ্ছেন। ঈশ্বরের সৃষ্টিরক্ষার নিয়ম পালন ও গুণবান পুত্র উৎপাদন করে সমাজের কল্যাণসাধন করাই হিন্দুর বিবাহ-কর্মটার উদ্দেশ্য হওয়া উচিত—শাস্ত্র বারবার এই কথাই আমাদের বলে দিচ্ছেন। তবে কি বিবাহে হিন্দুর নিজের স্বার্থ কিছুমাত্র থাকবে না—শাস্ত্র এমন অসম্ভব কথা বলেন? না, তা নয়। শাস্ত্রকার ঋষিরা দুর্বল মানবচরিত্রের অন্তস্তল পর্যন্ত দেখেই বুঝেছিলেন যে দুর্বল মানুষ স্বার্থ ছাড়া এ জগতে আর কোনো কথাই বোঝে না; লাভ-লোকসান না খতিয়ে অতি সামান্য কাজেও এগোয় না। শাস্ত্রকার সে কথা বুঝেও যে পূর্বোক্ত আদেশ করেছেন, তার কারণ—তিনি এ কথাও বুঝেছেন যে, সেই স্বার্থটাকে যদি একটা মহান উদ্দেশ্যের সঙ্গে সর্বদা জড়িয়ে রাখা যায় তবেই মঙ্গল; নইলে মানুষকে পুনঃপুনঃ জন্ম-মৃত্যুর বন্ধনে পড়ে অশেষ দুঃখভোগ করতে হবে। নিজের নিত্য-মুক্ত আত্মস্বরূপ ভুলেই মানুষ ইন্দ্রিয়দ্বার দিয়ে বাহ্যজগতের রূপরসাদি ভোগের জন্য ছুটছে; আর, ভাবছে—এসব বড়ই মধুর, বড়ই মনোরম!
বিচার-সংযুক্ত ভোগ করতে করতে কালে বোধ হয়—‘দুঃখের মুকুট পরে সুখ আসে’
কিন্তু জগতের প্রত্যেক সুখটাই যে দুঃখের সঙ্গে চিরসংযুক্ত, সুখটা ভোগ করতে গেলেই যে সঙ্গে সঙ্গে দুঃখটাও নিতে হবে—এ কথা কটা লোক ধরতে বা বুঝতে পারে? শ্রীযুত বিবেকানন্দ স্বামীজী বলতেন, “দুঃখের মুকুট মাথায় পরে সুখ এসে মানুষের কাছে দাঁড়ায়”—মানুষ তখন সুখকে নিয়েই ব্যস্ত! সুখের মাথায় যে দুঃখের মুকুট, এবং সুখকে নিজের বলে গ্রহণ করলে পরিণামে যে দুঃখটাকেও নিতে হবে—এ কথা তখন সে আর ভাবার অবসর পায় না! শাস্ত্র সেজন্য তাকে সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ওরে, সুখলাভটাই নিজের স্বার্থ—এ কথা মনে করিস কেন? সুখ বা দুঃখের একটা নিতে গেলে যে অন্যটাকেও নিতে হবে! স্বার্থটাকে একটু উঁচু সুরে বেঁধে ভাব না যে, সুখটাও আমার শিক্ষক, দুঃখটাও আমার শিক্ষক; আর যাতে এই দুয়ের হাত থেকে চিরকালের মতো পরিত্রাণ পাওয়া যায়—তা-ই আমার স্বার্থ বা জীবনের উদ্দেশ্য’। অতএব বোঝা যাচ্ছে—বিবাহিত জীবনে বিচারসংযুক্ত ভোগের দ্বারা এবং সুখদুঃখপূর্ণ নানা অবশ্যম্ভাবী অবস্থার অনুভবের দ্বারা জীব যাতে ক্ষণভঙ্গুর সংসারের সব আপাতসুখের উপর বিরক্ত হয়ে ঈশ্বরের প্রতি অনুরাগে পূর্ণ হয় এবং তাঁকেই সারাৎসার জেনে তাঁর দর্শনলাভের দিকে মহোৎসাহে অগ্রসর হয়, এই শিক্ষা দেওয়াই শাস্ত্রকারের উদ্দেশ্য।
ভোগসুখ ত্যাগ করতে করতে মনকে কীভাবে বোঝাতে হয়, সে বিষয়ে ঠাকুরের উপদেশ
বিচার করতে করতে সংসারের কোনো বিষয় ভোগ করতে গেলেই মন যে সেই বিষয় ত্যাগ করবে, এ কথা নিশ্চিত; এজন্যই ঠাকুর বলতেন, “ওরে, সদসদ্বিচার চাই। সর্বদা বিচার করে মনকে বলতে হয় যে, মন তুমি এই জিনিসটা ভোগ করবে, এটা খাবে, ওটা পরবে বলে ব্যস্ত হচ্ছ—কিন্তু যে পঞ্চভূতে আলু পটল চাল ডাল ইত্যাদি তৈরি হয়েছে, সেই পঞ্চভূতেই আবার সন্দেশ রসগোল্লা ইত্যাদি তৈরি হয়েছে; যে পঞ্চভূতের হাড়-মাংস রক্ত-মজ্জায় নারীর সুন্দর শরীর হয়েছে, তাহাতেই আবার তোমার, সকল মানুষের ও গরু ছাগল ভেড়া ইত্যাদি প্রাণীরও শরীর হয়েছে; তবে কেন ওগুলো পাবার জন্য এত হাঁই-ফাঁই কর? ওতে তো আর সচ্চিদানন্দলাভ হবে না! তাতেও যদি না মানে তো বিচার করতে করতে দু-একবার ভোগ করে সেটাকে ত্যাগ করতে হয়। যেমন ধর, রসগোল্লা খাবে বলে মন ভারি ধরেছে, কিছুতেই আর বাগ মানচে না—যত বিচার করচ সব যেন ভেসে যাচ্চে; তখন কতকগুলো রসগোল্লা এনে এগাল ওগাল করে চিবিয়ে খেতে খেতে মনকে বলবি—মন, এরই নাম রসগোল্লা; এ-ও আলু-পটলের মতো পঞ্চভূতের বিকারে তৈয়ারি হয়েছে; এ-ও খেলে শরীরে গিয়ে রক্ত-মাংস-মল-মূত্র হবে; যতক্ষণ গালে আছে ততক্ষণই এটা মিষ্টি—গলার নিচে নাবলে আর ঐ আস্বাদের কথা মনে থাকবে না, আবার বেশি খাও তো অসুখ হবে; এর জন্য এত লালায়িত হও! ছি ছি! —এই খেলে, আর খেতে চেও না। (সন্ন্যাসী ভক্তদের লক্ষ্য করে) সামান্য সামান্য বিষয়গুলো এই রকম করে বিচারবুদ্ধি নিয়ে ভোগ করে ত্যাগ করা চলে, কিন্তু বড় বড়গুলোতে ও রকম করা চলে না, ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয়। সেজন্য বড় বড় বাসনাগুলোকে বিচার করে, তাতে দোষ দেখে, মন থেকে তাড়াতে হয়।”
বিবাহিত জীবনে ব্রহ্মচর্যপালন করার প্রথার উচ্ছেদ হওয়ার ফলেই হিন্দুর বর্তমান জাতীয় অবনতি
শাস্ত্র বিবাহের এমন উচ্চ উদ্দেশ্যের উপদেশ দিলেও কটা লোকের মনে সে কথা আজকাল স্থান পায়? কজন বিবাহিত জীবনে যথাসাধ্য ব্রহ্মচর্য পালন করে নিজেদের এবং জনসমাজকে ধন্য করেন? কজন স্ত্রী স্বামীর পাশে দাঁড়িয়ে তাঁকে লোকহিতকর উচ্চব্রতে—ঈশ্বরলাভের কথা দূরে থাকুক—প্রেরণা দেন? কজন পুরুষই বা ‘ত্যাগই জীবনের উদ্দেশ্য’ জেনে স্ত্রীকে তা শিক্ষা দেন? হায় ভারত! পাশ্চাত্যের ভোগসর্বস্ব জড়বাদ ধীরে ধীরে তোমার অস্থি-মজ্জায় প্রবেশ করে তোমাকে কী মেরুদণ্ডহীন পশুবিশেষে পরিণত করেছে, তা একবার ভেবে দেখো দেখি! সাধে কি আর শ্রীরামকৃষ্ণদেব তাঁর সন্ন্যাসী-ভক্তদের কাছে বর্তমান বিবাহিত জীবনের দোষ দেখিয়ে বলতেন, “ওরে, (ভোগটাকে সর্বস্বজ্ঞান বা জীবনের উদ্দেশ্য করাই যদি দোষ হয়, তবে বিবাহের সময়) একটা ফুল ফেলে সেটা করলেই কি শুদ্ধ হয়ে গেল—তার দোষ কেটে গেল?” বাস্তবিক বিবাহিত জীবনে ইন্দ্রিয়পরতা আর কখনো ভারতে এত প্রবল হয়েছিল কি না সন্দেহ। ইন্দ্রিয়-পরিতৃপ্তি ছাড়া বিবাহের যে আর একটা মহাপবিত্র, মহোচ্চ উদ্দেশ্য আছে—এ কথা আমরা আজকাল একরকম ভুলেই গেছি, আর সেই কারণে দিন দিন পশুরও অধম হতে বসেছি! নব্য ভারত-ভারতীর এই পশুত্ব ঘোচাবার জন্যই লোকগুরু ঠাকুরের বিবাহ। তাঁর জীবনের সব কাজের মতো বিবাহটাও লোককল্যাণের জন্য অনুষ্ঠিত হয়েছিল।
নিজে অনুষ্ঠান করে দেখিয়ে সেই আদর্শ পুনরায় প্রচলনের জন্যই ঠাকুরের বিবাহ
ঠাকুর বলতেন, “এখানকার যা কিছু করা সে তোদের জন্য। ওরে, আমি ষোল টাং করলে তবে যদি তোরা এক টাং করিস! আর আমি যদি দাঁড়িয়ে মুতি তো তোরা শালারা পাক দিয়ে দিয়ে তাই করবি।” এই জন্যই ঠাকুর বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে নিয়ে মহোচ্চ আদর্শ সকলের চোখের সামনে অনুষ্ঠান করে দেখালেন। ঠাকুর যদি স্বয়ং বিবাহ না করতেন, তাহলে গৃহস্থ মানুষ বলত, ‘বিয়ে তো করেননি, তাই অত ব্রহ্মচর্যের কথা বলা চলছে। স্ত্রীকে নিজের করে একসঙ্গে তো কখনো বাস করেননি, তাই আমাদের উপর লম্বা লম্বা উপদেশ দেওয়া চলছে।’ সেজন্যই ঠাকুর শুধু যে বিবাহ করেছিলেন তা নয়, শ্রীশ্রীজগন্মাতার পূর্ণদর্শনলাভের পর যখন দিব্যোন্মাদাবস্থা তাঁর সহজ হয়ে গেল, তখন পূর্ণযৌবনা বিবাহিতা স্ত্রীকে দক্ষিণেশ্বরে নিজের কাছে আনিয়ে রাখলেন, তাঁর মধ্যে জগদম্বার আবির্ভাব সাক্ষাৎ প্রত্যক্ষ করে তাঁকে শ্রীশ্রীষোড়শী মহাবিদ্যাজ্ঞানে পূজা ও আত্মনিবেদন করলেন, আট মাস ধরে নিরন্তর একত্র বাস ও তাঁর সঙ্গে এক শয্যায় শয়ন পর্যন্ত করলেন, আর স্ত্রীর শিক্ষা এবং প্রাণের শান্তি ও আনন্দের জন্য এরপর কামারপুকুরে এবং কখনো কখনো শ্বশুরবাড়ি জয়রামবাটীতেও স্বয়ং গিয়ে দু-এক মাস কাটাতে লাগলেন!
স্ত্রীর সঙ্গে ঠাকুরের শরীর-সম্বন্ধ-রহিত অদৃষ্টপূর্ব প্রেম-সম্বন্ধ। শ্রীশ্রীমার এ বিষয়ক কথা
দক্ষিণেশ্বরে যখন ঠাকুর স্ত্রীর সঙ্গে এভাবে একত্র বাস করতেন, তখনকার কথা স্মরণ করে শ্রীশ্রীমা এখনো স্ত্রী-ভক্তদের বলেন, “সে যে কী অপূর্ব দিব্যভাবে থাকতেন, তা বলে বোঝাবার নয়! কখনো ভাবের ঘোরে কত কী কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া—এই রকম, সমস্ত রাত! সে কী এক আবির্ভাব আবেশ, দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে! ভাবসমাধির কথা তখন তো কিছু বুঝি না; এক দিন তাঁর আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদেকেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শুনাতে শুনাতে তবে কতক্ষণ পরে তাঁর চৈতন্য হয়! তারপর ঐরূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন—এই রকম ভাব দেখলে এই নাম শুনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শুনাবে। তখন আর তত ভয় হতো না, ঐ সব শুনালেই তাঁর আবার হুঁশ হতো। তারপর অনেকদিন এইরূপে গেলেও, কখন তাঁর কী ভাবসমাধি হবে বলে সারা রাত্তির জেগে থাকি ও ঘুমুতে পারি না—এ কথা একদিন জানতে পেরে, নহবতে আলাদা শুতে বললেন।” পরমারাধ্যা শ্রীশ্রীমা বলেন, প্রদীপে সলতেটি কীভাবে রাখতে হবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, অন্যের বাড়ি গিয়ে কেমন ব্যবহার করতে হবে প্রভৃতি সংসারের সব কথা থেকে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সব বিষয় ঠাকুর এভাবে তাঁকে শিক্ষা দিয়েছেন।
গৃহী মানবের শিক্ষার জন্যই ঠাকুরের এমন প্রেমলীলাভিনয়
হে গৃহী মানব, কজন তোমরা এইভাবে নিজ নিজ স্ত্রীকে শিক্ষা দাও? তুচ্ছ শরীরসম্বন্ধটা যদি আজ থেকে কোনো কারণে উঠে যায়, তাহলে কজন তোমরা স্ত্রীকে তেমন সম্মান, ভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসা আজীবন দিতে পারো? সেইজন্যই বলি, এই অপূর্ব যুগাবতার যে বিবাহ করলেন এবং একদিনের জন্যও শরীর-সম্বন্ধ না পাতিয়ে স্ত্রীর সঙ্গে এই অদ্ভুত, অদৃষ্টপূর্ব প্রেমলীলার বিস্তার করলেন, তা কেবল তোমারই জন্য। তুমিই যাতে শিখতে পারো যে—ইন্দ্রিয়পরতা ছাড়া বিবাহের আর এক মহোচ্চ উদ্দেশ্য আছে, এবং এই উচ্চ আদর্শে লক্ষ্য স্থির রেখে যাতে তুমিও বিবাহিত জীবনে ব্রহ্মচর্যের যথাসাধ্য অনুষ্ঠান করে স্ত্রী-পুরুষে ধন্য হতে পারো এবং মহামেধাবী, মহাতেজস্বী গুণবান সন্তানের পিতা-মাতা হয়ে ভারতের বর্তমান হীনবীর্য, হতশ্রী, হৃতশক্তিক সমাজকে ধন্য করতে পারো, সেইজন্য। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশু, শ্রীশঙ্কর, শ্রীচৈতন্য প্রভৃতি রূপে পূর্ব পূর্ব যুগে যে লীলা জগৎকে দেখাবার প্রয়োজন লোকগুরুদের হয়নি, তা-ই এই যুগে তোমার প্রয়োজনের জন্য শ্রীরামকৃষ্ণ-শরীরে প্রদর্শিত হয়েছে। আজীবনব্যাপী কঠোর তপস্যা ও সাধনাবলে বিবাহবন্ধনের অদৃষ্টপূর্ব পবিত্র ‘ছাঁচ’ জগতে এই প্রথম তৈরি হয়েছে। এখন, ঠাকুর যেমন বলতেন—তোমরা নিজ নিজ জীবন সেই আদর্শ ছাঁচে ফেলো, আর নতুনভাবে গড়ে তোলো।
ঠাকুরের আদর্শে বিবাহিত জীবন গঠন করতে এবং অন্তত আংশিকভাবেও ব্রহ্মচর্য পালন করতে হবে। নতুবা আমাদের কল্যাণ নেই
‘কিন্তু’— গৃহমেধিমানব এখনও বলছে—‘কিন্তু—!’ ওঃ, বুঝেছি; এবং শ্রীস্বামী বিবেকানন্দ আমাদের সাধন-ভজন সম্বন্ধে যেমন বলতেন, তা-ই উত্তরে বলছি, “তোরা মনে করেছিস বুঝি প্রত্যেকে এক একটা রামকৃষ্ণ পরমহংস হবি? সে নয় মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। রামকৃষ্ণ পরমহংস জগতে একটাই হয়—বনে একটা সিঙ্গিই (সিংহ) থাকে।” হে গৃহী-মানব, আমরাও তোমার ‘কিন্তু’র উত্তরে তেমনই বলছি—ঠাকুরের মতো স্ত্রীর সঙ্গে বাস করে একেবারে অখণ্ড ব্রহ্মচর্য রাখা যে তোমার সাধ্যাতীত, তা ঠাকুর বিলক্ষণ জানতেন, এবং জেনেও যে সেরকম করে তোমায় দেখিয়ে গেছেন, তা কেবল তুমি অন্তত ‘এক টাং’ বা আংশিকভাবে তার অনুষ্ঠান করবে বলে। কিন্তু, জেনো, সেই উচ্চ আদর্শের অনুষ্ঠান করে যদি তুমি স্ত্রীজাতিকে জগদম্বার সাক্ষাৎ প্রতিরূপ বলে না দেখতে এবং হৃদয়ের যথাসাধ্য নিঃস্বার্থ ভালোবাসা না দিতে চেষ্টা করো, জগতের মাতৃস্থানীয়া স্ত্রীমূর্তিদের তোমার ভোগমাত্রৈকসহায়া পরাধীনা দাসী বলে ভেবে চিরকাল পশুভাবেই দেখতে থাকো, তবে তোমার আর গতি নেই; তোমার বিনাশ ধ্রুব এবং অতি নিকটে। শ্রীকৃষ্ণের কথা উপেক্ষা করে যদুবংশের কী হল, তা ভেবো, ঈশার কথা উপেক্ষা করে ইহুদি জাতিটার কী দুর্দশা, তা স্মরণ রেখো। যুগাবতারকে উপেক্ষা করা সর্বকালেই জাতিগুলির ধ্বংসের কারণ হয়েছে।
বিবাহের পর ঠাকুরের শরীর-সম্বন্ধ সম্পূর্ণ রহিত হয়ে থাকা সম্বন্ধে কয়েকটি আপত্তি ও তার খণ্ডন
এখানে আর একটি প্রশ্নের উত্তর দিয়েই আমরা বিবাহবন্ধনের ভিতর দিয়ে ঠাকুরের গুরুভাবের অদৃষ্টপূর্ব বিকাশের কথা সাঙ্গ করে এই বিষয়ের অন্য কথাগুলি বলব। রূপ-রসাদি বিষয়ের দাস, বহির্মুখ মানবমনে এখনো নিশ্চয়ই এ কথা জাগছে যে, ঠাকুর যদি বিবাহই করলেন, তবে অন্তত একটি সন্তানও উৎপাদন করে স্ত্রীর সঙ্গে শরীর-সম্বন্ধ ত্যাগ করলে ভালো হত। এমন করলে বোধ হয় ভগবানের সৃষ্টিরক্ষা করাটা যে মানুষমাত্রেরই কর্তব্য, তা দেখানো হত এবং সঙ্গে সঙ্গে শাস্ত্রমর্যাদাটাও রক্ষা পেত। কারণ, শাস্ত্র বলেন—বিবাহিত পত্নীতে অন্তত একটি সন্তানও উৎপাদন করবে। এতে পিতৃ-ঋণের হাত থেকে মানুষের নিষ্কৃতি হয়। এর উত্তরে আমরা বলি –
প্রথমত, আমরা যতটুকু দেখি, শুনি বা চিন্তা ও কল্পনা করি, সৃষ্টিটা বাস্তবিক কি ততটুকুই? বৈচিত্র্য থাকাই সৃষ্টির নিয়ম। আজ এই মুহূর্ত থেকে যদি আমরা সকলে সব বিষয়ে একই প্রকার চিন্তা ও কাজ করতে থাকি, তাহলে সৃষ্টি ধ্বংস হতে আর বড় বিলম্ব হবে না। তারপর জিজ্ঞাসা করি—সৃষ্টিরক্ষার সব নিয়মই কি তুমি জেনেছ এবং সৃষ্টিরক্ষা করতে গিয়েই কি তুমি আজ ব্রহ্মচর্যবিহীন? বুকে হাত দিয়ে উত্তর দিয়ো; দেখো, ঠাকুর যেমন বলতেন—“ভাবের ঘরে চুরি না থাকে।” আচ্ছা, না হয় ধরলাম সৃষ্টিরক্ষার সেই নিয়মটি তুমি পালন করছ। অপরকে এমন করতে বলার তোমার কী অধিকার আছে? ব্রহ্মচর্য বা উচ্চাঙ্গের মানসিক শক্তিবিকাশের জন্য সাধারণ বিষয়ে শক্তিক্ষয় না করাটাও সৃষ্টির ভিতরের একটা নিয়ম। সকলেই যদি তোমার মতো নিম্নাঙ্গের শক্তিবিকাশেই ব্যস্ত থাকে, তবে উচ্চাঙ্গের আধ্যাত্মিক শক্তিবিকাশ দেখাবে কে? এমন শক্তির বিকাশ তাহলে তো লোপ পাবে।
দ্বিতীয়ত, শাস্ত্রের ভিতর থেকে মনের মতো কথাগুলি বেছে নেওয়াই আমাদের স্বভাব। সন্তান উৎপাদনের কথাটিও এভাবেই বেছে নেওয়া হয়। কারণ, শাস্ত্র অধিকারিভেদে আবার বলেন, ‘যদহরেব বিরজেৎ তদহরেব প্রব্রজেৎ’—যখনই ভগবানে অনুরাগ বেড়ে সংসারে বৈরাগ্যের উদয় হবে, তখনই সংসার ত্যাগ করবে। অতএব ঠাকুর যদি তোমার মতে চলতেন, তাহলে এ শাস্ত্রবচনের মর্যাদাটি রক্ষা করত কে? পিতৃ-ঋণ শোধ করার ক্ষেত্রেও সেই কথা। শাস্ত্র বলেন—যথার্থ সন্ন্যাসী তাঁর ঊর্ধ্বতন সপ্তপুরুষ এবং অধস্তন সপ্তপুরুষকে নিজ পুণ্যবলে উদ্ধার করেন। অতএব ঠাকুরের পিতৃ-ঋণশোধ হল না ভেবে আমাদের কাতর হওয়ার প্রয়োজন নেই।
গুরুভাবের প্রেরণাতেই যে ঠাকুরের বিবাহ, শ্রীশ্রীমা যে ঠাকুরকে জগদম্বাজ্ঞানে আজীবন পূজা করে আসছেন, তাতেই তার পরিচয় পাওয়া যায়
অতএব বোঝা যাচ্ছে, ঠাকুরের জীবনে বিবাহবন্ধন কেবল আমাদের শিক্ষার জন্যই হয়েছিল। বিবাহিত জীবনের কী উচ্চ, পবিত্র আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেছেন, তার কিছুটা পরিচয় পাওয়া যায় এই কথা থেকেই যে, শ্রীশ্রীমা আজীবন ঠাকুরকে সাক্ষাৎ জগন্মাতাজ্ঞানে পূজা করে আসছেন। মানুষ আর সকলের কাছে নিজের দুর্বলতা ঢেকে রাখতে পারলেও, স্ত্রীর কাছে কখনোই তা লুকিয়ে রাখতে পারে না—এটাই সংসারের নিয়ম। ঠাকুর এ নিয়ে কখনো কখনো আমাদের বলতেন, “যত সব দেখিস হোমরা-চোমরা বাবু ভায়া—কেউ জজ, কেউ মেজেস্টর, বাইরের যত বোলবোলাও—স্ত্রীর কাছে সব একেবারে কেঁচো, গোলাম! অন্দর থেকে কোন হুকুম এলে, অন্যায় হলেও সেটা রদ করবার কারও ক্ষমতা নেই!” অতএব কারও বিবাহিতা পত্নী যদি তার পবিত্র, উচ্চ জীবন দেখে তাকে অকপটে হৃদয়ের ভক্তি দেয় এবং আজীবন ঈশ্বরজ্ঞানে পূজা করে, তাহলে নিশ্চয় বোঝা যায়, সে লোকটা বাইরে যে আদর্শ দেখায় তাতে কিছুমাত্র ভেজাল নেই। ঠাকুরের সম্বন্ধে তাই এ কথা আমরা যত নিশ্চয় করে বলতে পারি, তত আর কারও সম্বন্ধে নয়। পরিণীতা পত্নীর সঙ্গে ঠাকুরের অপূর্ব প্রেমলীলার অনেক কথা বলার থাকলেও, এটা তার স্থান নয়। সেজন্য এখানে এই বিষয়ের ভিতর দিয়ে ঠাকুরের অদ্ভুত গুরুভাব-বিকাশের কিছুটা আভাস দিয়েই আমরা ক্ষান্ত হলাম।
[1] লুক্, ২-৪২
[2] পাড়াগাঁয়ে প্রথা আছে, শশা প্রভৃতি গাছের যে ফলটি ভালো বুঝে ভগবানের ভোগ দেবে বলে কৃষক ঠিক করে, মনে রাখার জন্য সেটিতে একটি কুটো বেঁধে চিহ্ন দিয়ে রাখে। এরকম করলে কৃষক নিজে বা তার বাড়ির আর কেউ সেটি ভুল করে তুলে বিক্রি করে ফেলে না। ঠাকুর সেই প্রথা মনে রেখেই ও কথা বলেছিলেন। অর্থ – অমুকের মেয়ের সঙ্গে তাঁর বিবাহ হবে, এ কথা আগে থেকে স্থির হয়ে আছে, অথবা অমুক কন্যাটিকে দৈব তাঁর বিবাহের পাত্রীরূপে রেখে দিয়েছে।
নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়াসমাবৃতঃ।
মূঢ়োঽয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়ম্॥
– গীতা, ৭/২৫
গুরু ও নেতা হওয়া মানুষের ইচ্ছাধীন নয়
ঠাকুরের জীবনে গুরুভাবের বিশেষ বিকাশ আরম্ভ হয়—যেদিন থেকে তিনি দক্ষিণেশ্বরে শ্রীশ্রীজগদম্বার পূজায় ব্রতী হয়ে সেখানে বাস করতে শুরু করেন। ঠাকুরের তখন সাধনার কাল—ঈশ্বরপ্রেমে উন্মাদাবস্থা। কিন্তু হলে কী হয়? যিনি গুরু, তিনি চিরকালই গুরু—যিনি নেতা, তিনি বাল্যকাল থেকেই নেতা। লোকে কমিটি করে পরামর্শ এঁটে যে তাঁকে গুরু বা নেতার আসন ছেড়ে দেয়, তা নয়। তিনি যেই এসে লোকসমাজে দাঁড়ান, অমনি সাধারণ মানুষের মন তাঁর প্রতি ভক্তিপূর্ণ হয়। অমনি নতশিরে তারা তাঁর কাছে শিক্ষা গ্রহণ করতে ও তাঁর আজ্ঞা পালন করতে থাকে—এটাই নিয়ম। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষ মানুষকে যে নেতা বা গুরু করে তোলে, তা নয়, যাঁরা গুরু বা নেতা হন, তাঁরা সেই অধিকার নিয়েই জন্মগ্রহণ করেন। ‘A leader is always born and never created’—সেজন্য দেখা যায়, সাধারণ মানুষ যেসব কাজ করলে সমাজ চটে গিয়ে দণ্ডবিধান করে, লোকগুরুরা সেই সব কাজ করলেও সেই সমাজই অবনতশিরে তাঁদের পদানুসরণ করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এ সম্বন্ধে বলেছেন –
‘স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে।’
– তিনি যা কিছু করেন, তা-ই সৎকার্যের প্রমাণ বা পরিমাপক হয়ে দাঁড়ায় এবং লোকে তখন থেকে সেইরকম আচরণই করতে থাকে। বড়ই আশ্চর্যের কথা, কিন্তু বাস্তবিকই চিরকাল এমনই হয়ে এসেছে এবং পরেও হতে থাকবে। শ্রীকৃষ্ণ বললেন, ‘আজ থেকে ইন্দ্রের পূজা বন্ধ হয়ে গোবর্ধনের পূজা হতে থাকুক’—লোকে তা-ই করতে লাগল! বুদ্ধ বললেন, ‘আজ থেকে পশুহিংসা বন্ধ হোক’—অমনি ‘যজ্ঞে হনন করার জন্যই পশুদের সৃষ্টি’, ‘যজ্ঞার্থে পশবো সৃষ্টাঃ’—এই নিয়মটি সমাজ পালটে বাঁধল! যীশু মহাপবিত্র উপবাসের দিনে শিষ্যদের খেতে অনুমতি দিলেন—তা-ই নিয়ম হয়ে দাঁড়াল! মহম্মদ বহু বিবাহ করলেন, তবুও লোকে তাঁকে ধর্মবীর, ত্যাগী ও নেতা বলে মান্য করতে লাগল! সামান্য বা মহৎ সব বিষয়েই এমন—তাঁরা যা বলেন ও করেন, তা-ই সদাচরণের আদর্শ।
লোকগুরুদের ভিতরে বিরাট ভাবমুখী আমিত্বের বিকাশ সহজেই দেখা দেয়, সাধারণের তেমন হয় না
কেন যে এমন হয় তা-ও ইতিপূর্বে আমরা বলেছি—লোকগুরুদের ক্ষুদ্র স্বার্থপর ‘আমি’টা চিরকালের মতো একেবারে বিনষ্ট হয়ে তার জায়গায় বিরাটভাবমুখী ‘আমিত্ব’টার বিকাশ দেখা দেয়। সে ‘আমি’টার দশের কল্যাণ খোঁজাই স্বভাব। আর ফুল ফুটলে ভ্রমর যেমন আপনা থেকেই জানতে পেরে মধুলোভে সেখানে এসে হাজির হয়, ফুলকে আর ভ্রমরের কাছে সাদর নিমন্ত্রণ পাঠাতে হয় না, তেমনই যেই কারও ভিতর সেই বিরাট ‘আমি’টার বিকাশ হয়, অমনি সংসারে তাপিত লোকেরা আপনা থেকেই কেমন করে তা জানতে পেরে শান্তিলাভের জন্য ছুটে আসে। সাধারণ মানুষের ভিতর সেই বিরাট ‘আমি’টার একটু-আধটু ছিটেফোঁটার মতো বিকাশ অনেক কষ্টে দেখা দেয়। কিন্তু লোকগুরুদের জীবনে বাল্যকাল থেকেই তার কিছু না কিছু বিকাশ, যৌবনে আরও বেশি প্রকাশ এবং পরিশেষে পূর্ণ প্রকাশের অদ্ভুত লীলা দেখে আমরা স্তম্ভিত হয়ে ঈশ্বরের সঙ্গে তাঁদের একেবারে অপৃথকভাবে দেখতে থাকি। কারণ তখন সেই অলৌকিক ভাবপ্রকাশ তাঁদের কাছে এত সহজ হয়ে দাঁড়ায় যে, তা খাওয়া-পরা, চলা-ফেরা, নিঃশ্বাস-ফেলার মতো সাধারণ নিত্যকর্মগুলিরই একটি হয়ে দাঁড়ায়। কাজেই সাধারণ মানুষ আর কী করবে? —দেখে যে, তার ক্ষুদ্র স্বার্থের মাপকাঠি দিয়ে তাঁদের দেবচরিত্র মাপা চলে না, এবং সেজন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাঁদের দেবতাজ্ঞানে ভক্তি-বিশ্বাস করে ও তাঁদের শরণ গ্রহণ করে।
ঠাকুরের জীবনে গুরুভাবের পূর্ণবিকাশ হয়ে তা সহজ-ভাব হয়ে দাঁড়ায় কখন
ঠাকুরের জীবনালোচনাতেও আমরা তেমনই দেখতে পাই—যৌবনে সাধকাবস্থায় দিনের পর দিন সেই ভাবের ক্রমে ক্রমে বিকাশ হতে হতে বারো বছর কঠোর সাধনার শেষে সেই ভাবের পূর্ণ প্রকাশ হয়ে তা একেবারে সহজভাব হয়ে দাঁড়ায়। তখন কখন যে তিনি কোন ‘আমি’-বুদ্ধিতে রয়েছেন বা কখন যে তাঁর মধ্যে বিরাট ‘আমি’টার সাহায্যে গুরুভাবাবেশ হল, তা অনেক সময়ে সাধারণ মানবমন-বুদ্ধির গোচর হত না। কিন্তু ওটা সেই ভাবের পূর্ণ পরিণত অবস্থার কথা, এবং যেখানকার কথা সেখানেই তার বিশেষ পরিচয় পাওয়া যাবে। এখন যৌবনে সাধকাবস্থায় সেই ভাবে আত্মহারা হয়ে তিনি অনেক সময়ে যেমন আচরণ করতেন, তারই কিছু পাঠককে আগে বলা আবশ্যক।
সাধনকালে সেই ভাব—রানী রাসমণি ও তাঁর জামাতা মথুরের সঙ্গে ব্যবহার
যৌবনে ঠাকুরের গুরুভাবের প্রথম বিকাশ দেখতে পাই, দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী, রানী রাসমণি ও তাঁর জামাতা মথুরানাথ বা মথুরবাবুকে নিয়ে। অবশ্য এঁদের দুজনের কাউকে দেখার ভাগ্য আমাদের কারও হয়নি। তবে ঠাকুরের নিজের মুখে যা শুনেছি, তা থেকে বেশ বোঝা যায় যে, প্রথম দর্শনেই এঁদের মনে ঠাকুরের প্রতি একটা ভালোবাসা জেগে ক্রমে ক্রমে তা এতই গভীর হয়ে ওঠে যে, এমন আর কোথাও দেখা যায় না। মানুষকে মানুষ যে এতটা ভক্তি-বিশ্বাস করতে—এতটা ভালোবাসতে পারে, তা আমাদের অনেকের বোধ হয় ধারণাই হবে না, একটা রূপকথার মতো মনে হবে! অথচ উপর উপর দেখলে ঠাকুর তখন একজন সামান্য নগণ্য পূজক ব্রাহ্মণ মাত্র, এবং তাঁরা সমাজে জাতের দিক থেকে বড় না হলেও, ধনে, মানে, বিদ্যায় ও বুদ্ধিতে সমাজের অগ্রণী বললে চলে।
ঠাকুরের অপূর্ব স্বভাব
আবার এদিকে ঠাকুরের স্বভাবও বাল্যকাল থেকেই অতি বিচিত্র! ধন, মান, বিদ্যা, বুদ্ধি, নামের শেষে বড় বড় উপাধি প্রভৃতি যেসব নিয়ে লোকে লোককে বড় বলে গণ্য করে, তাঁর গণনায়, তাঁর চোখে ওগুলো চিরকালই ধর্তব্যের মধ্যে বড় একটা ছিল না। ঠাকুর বলতেন, “মনুমেন্টে উঠে দেখলে তিনতলা চারতলা বাড়ি, উঁচু উঁচু গাছ ও জমির ঘাস সব এক সমান হয়ে গেছে দেখায়।” আমরাও দেখি, ঠাকুরের নিজের মন বাল্যকাল থেকে, সত্যনিষ্ঠা ও ঈশ্বরানুরাগের সাহায্যে সর্বদা এত উঁচুতে উঠে থাকত যে সেখান থেকে ধন-মান-বিদ্যাদির একটু-আধটু তারতম্য—যা নিয়ে আমরা একেবারে ফুলে ফেটে যাওয়ার মতো হই ও ‘ধরাকে সরা জ্ঞান’ করি—সব এক সমান দেখা যেত! অথবা ঠাকুরের মন চিরকাল—প্রত্যেক কাজটা কেন করব, প্রত্যেক ব্যক্তি ও পদার্থের সঙ্গে সম্বন্ধের চরম পরিণতিতে কী এবং কতদূর দাঁড়াবে—তা ভেবে, আর অন্যদের সেই সেই বিষয়ে কীরকম অবস্থা দাঁড়িয়েছে তা দেখে, আগে থেকেই একটা বদ্ধমূল ধারণায় পৌঁছে যেত। কাজেই এসব বিষয় যে উদ্দেশ্য ও চরমপরিণতি লুকিয়ে মধুর ছদ্মবেশে তাঁকে ভুলিয়ে অন্তত কিছুকালের জন্যও মিছিমিছি ঘোরাবে, তার কোনো পথই ছিল না। পাঠক বলবে, ‘কিন্তু ওরকম বুদ্ধিতে সব বিষয়ের দোষগুলিই তো আগে চোখে পড়ে মানুষকে জড়ভাবাপন্ন করে তুলবে, জগতের কোনো কাজ করতেই আর এগোতে দেবে না।’ বাস্তবিকই তা-ই। মন যদি আগে থেকে বাসনাশূন্য বা পবিত্র না হয়ে থাকে এবং ঈশ্বরলাভরূপ মহৎ উদ্দেশ্য যদি তার গোড়ায় বাঁধা না থাকে, তা হলে এমন বুদ্ধি বাস্তবিকই মানুষকে কিংকর্তব্যবিমূঢ় করে উদ্যমরহিত এবং কখনো কখনো উচ্ছৃঙ্খল ও যথেচ্ছাচারী করে তোলে। কিন্তু পবিত্রতা ও উচ্চ লক্ষ্যে যদি মনের সুর চড়িয়ে বাঁধা থাকে, তা হলে সকল বিষয়ের অন্তস্তলস্পর্শী সেই দোষদর্শী বুদ্ধিই মানুষকে ঈশ্বরদর্শনের পথে দ্রুত পায়ে এগিয়ে নিয়ে যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেজন্য শ্রদ্ধাভক্তিসম্পন্ন মানুষকেই সর্বদা সংসারে ‘জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি-দুঃখ-দোষানুদর্শন’ করে বৈরাগ্যবান হতে বলেছেন। ঠাকুরের চরিত্রে বাল্যকাল থেকে এই দোষদৃষ্টি কতটা পরিস্ফুট, তা দেখো। লেখা-পড়া করতে গিয়ে কোথায় ‘তর্কালঙ্কার’, ‘বিদ্যাবাগীশ’ প্রভৃতি উপাধি ও নাম-যশের দিকে দৃষ্টি পড়বে, তা না হয়ে দেখতে পেলেন, বড় বড় ‘তর্কবাগীশ’, ‘ন্যায়চঞ্চু’ মহাশয়দের ন্যায়-বেদান্তের লম্বা লম্বা কথা আউড়ে ধনীর দরজায় খোশামুদি করে ‘চাল কলা বাঁধা’ বা জীবিকার সংস্থান করা! বিবাহ করতে গিয়ে কোথায় সংসারের ভোগসুখ আমোদ-প্রমোদের দিকে নজর পড়বে, তা না হয়ে দেখলেন দুদিনের সুখের জন্য চিরকালের মতো বন্ধন গলায় পরা, অভাব বাড়িয়ে টাকার চিন্তায় ছুটোছুটি করে বেড়ানো ও সেই দুদিনের সুখেরও অনিশ্চয়তা! টাকায় সংসারে সব করা ও সব হওয়া যায় দেখে কোথায় কোমর বেঁধে রোজগারে লেগে যাবেন—না, দেখলেন, টাকায় কেবল ভাত, ডাল, কাপড় ও ইট, মাটি, কাঠ লাভই হতে পারে, কিন্তু ঈশ্বরলাভ হয় না! সংসারে গরিব-দুঃখীর প্রতি দয়া করে পরের দুঃখমোচন করে ‘দাতা’, ‘পরোপকারী’ ইত্যাদি নাম কিনবেন—না, দেখলেন, আজীবন চেষ্টার ফলে বড় জোর দুচারটে ফ্রি-স্কুল ও দুচারটে দাতব্য ডাক্তারখানা, না হয় দুচারটে অতিথিশালা স্থাপন করা যায়; তারপর মৃত্যু, আর জগতের যেমন অভাব ছিল, তেমনই রইল! —এইরকম সব বিষয়ে।
ধনী ও পণ্ডিতদের পক্ষে ঠাকুরকে চিনতে পারা কঠিন। তার কারণ
এমন স্বভাবের ঠাকুরকে কাজেই ঠিক ঠিক ধরা বা বোঝা সাধারণ মানুষের পক্ষে বড়ই কঠিন, বিশেষত আবার বিদ্যাভিমানী ও ধনীদের; কারণ, সংসারে কারও কাছে স্পষ্ট কথা শুনতে না পেয়ে, লোকমান্য ও ধনমদে শোনার ক্ষমতাটি পর্যন্ত তাঁরা অনেক ক্ষেত্রে হারিয়ে বসেন। কাজেই তাঁরা ঠাকুরকে অনেক সময় বুঝতে না পেরে যে অসভ্য, পাগল বা অহংকারী মনে করবেন, এটা আশ্চর্য নয়। সেজন্যই রানী রাসমণি ও মথুরবাবুর ভক্তি-ভালোবাসা দেখে আরও অবাক হতে হয়! মনে হয়, ঈশ্বরকৃপায় মহাভাগ্যোদয় হয়েছিল বলেই তাঁরা ঠাকুরের উপর ভালোবাসা শুধু যে অক্ষুণ্ণ রাখতে পেরেছিলেন তা নয়, উপরন্তু দিন দিন তাঁর দিব্য গুরুভাবের পরিচয় পেয়ে তাঁর শ্রীচরণে সর্বতোভাবে আত্মবিক্রয় করতে পেরেছিলেন! নইলে, যে ঠাকুর কালীবাড়ি-প্রতিষ্ঠার দিনে নিজের অগ্রজ পূজায় ব্রতী হলেও এবং শ্রীশ্রীজগদম্বার প্রসাদ খেলেও, শূদ্রান্নভোজন করতে হবে বলে সেখানে উপবাস করেছিলেন, এবং পরেও কিছুকাল পর্যন্ত সেজন্য কালীবাড়ির গঙ্গাতীরে স্বহস্তে রান্না করে খেয়েছিলেন, যে ঠাকুর মথুরবাবু বার বার ডাকলেও বিষয়ী লোক বলে তাঁর সঙ্গে আলাপ করতে কুণ্ঠিত হয়েছিলেন, এবং পরে মা কালীর পূজায় ব্রতী হওয়ার জন্য তাঁর সাদর অনুরোধ বার বার প্রত্যাখ্যান করেছিলেন, অভিমান এবং ধনমদ ত্যাগ করে সেই ঠাকুরকে প্রথম থেকে ভালোবাসা এবং বরাবর সেই ভাব ঠিক রাখা রানী রাসমণি ও মথুরবাবুর পক্ষে সহজ হত না।
বিবাহের পর ঠাকুরের অবস্থা। মথুরের তা লক্ষ করে ক্রমশ তাঁর প্রতি আকৃষ্ট হওয়া। ঠাকুরের বিষয়ে সাধারণ মানুষের মতামত
ঠাকুরের তখন বিবাহ হয়ে গেছে—পূর্ণ যৌবন। বিবাহ করে দক্ষিণেশ্বরে ফিরে এসেছেন এবং মা-কালীর পূজায় ব্রতী হয়েছেন; এবং পূজায় ব্রতী হয়েই আবার ঈশ্বরপ্রেমে পাগলের মতো হয়েছেন। ঈশ্বরলাভ হল না বলে কখনো কখনো মাটিতে গড়াগড়ি দিয়ে মুখ ঘষে ‘মা’ ‘মা’ বলে এত কাঁদেন যে, লোক দাঁড়িয়ে যায়! লোকে ব্যথিত হয়ে বলাবলি করে, ‘আহা, লোকটির কোনো একটা উৎকট রোগ হয়েছে নিশ্চয়; পেটের শূলব্যথায় মানুষকে অমনি অস্থির করে।’ কখনো বা পূজার সময় যত ফুল নিজের মাথায় চাপিয়ে নিস্পন্দ হয়ে যান। কখনো বা সাধকদের পদাবলি উন্মত্তভাবে অনেকক্ষণ ধরে গাইতে থাকেন। নইলে, যখন কিছুটা হলেও সাধারণভাবে থাকেন, তখন যার সঙ্গে যেমন ব্যবহার করা উচিত, যাকে যেমন মান দেওয়া রীতি, সে সমস্ত আগের মতোই করেন। কিন্তু জগন্মাতার ধ্যানে যখন সেরকম ভাবাবেশ হয়—এবং সে ভাবাবেশ যে দিনের ভিতর এক-আধবার একটু-আধটু হত, তা নয়—তখন ঠাকুরের আর কোনো ঠিক-ঠিকানাই থাকে না, কারও কোনো কথা শোনেন না—বা উত্তর দেন না। কিন্তু তখনও সেই দেবচরিত্রে মাধুর্যের পরিচয় লোকে অনেক সময় পায়। তখনও যদি কেউ বলে, ‘মা-র নাম দুটো শোনাও না’—অমনি ঠাকুর তার প্রীতির জন্য মধুর কণ্ঠে গান ধরেন এবং গাইতে গাইতে গানের ভাবে নিজে বিভোর হয়ে আত্মহারা হন।
এর আগেই রানী রাসমণি ও মথুরবাবুর কানে হীনবুদ্ধি নিম্নপদস্থ কর্মচারীরা এবং দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির প্রধান কর্মচারী খাজাঞ্চি মহাশয়ও পূজার সময় ঠাকুরের অনাচারের অনেক কথা তুলে বলেছেন, ‘ছোট ভট্চাজ্[1] সব মাটি করলে; মা-র (কালীর) পূজা, ভোগ, রাগ কিছুই হইতেছে না; ওরূপ অনাচার করলে মা কি কখনো পূজা ভোগ গ্রহণ করেন?’ —ইত্যাদি। কিন্তু বলেও কিছুমাত্র সফলমনোরথ হননি; কারণ, মথুরবাবু স্বয়ং মাঝে মাঝে কাউকে কোনো সংবাদ না দিয়ে হঠাৎ মন্দিরে এসে অন্তরালে থেকে পূজার সময় ঠাকুরের ভক্তিবিহ্বল, বালকের মতো ব্যবহার ও শ্রীশ্রীজগদম্বার প্রতি আবদার, অনুরোধ প্রভৃতি দেখে চোখের জল ফেলতে ফেলতে তাঁদের আজ্ঞা করেছেন—“ছোট ভট্টাচার্য মহাশয় যেভাবে যা-ই করুন না কেন, তোমরা তাঁকে বাধা দেবে না বা কোনো কথা বলবে না। আগে আমাকে জানাবে, পরে আমি যেমন বলি তেমনি করবে।”
রানী রাসমণিও মধ্যে মধ্যে এসে মা-র শিঙ্গার (ফুলের সাজ) ইত্যাদি দেখে এবং ঠাকুরের মধুর কণ্ঠে মা-র নাম শুনে এতই মোহিত হয়েছেন যে, যখনই কালীবাড়িতে আসেন, তখনই ছোট ভট্টাচার্যকে কাছে ডাকিয়ে মা-র নাম (গান) করতে অনুরোধ করেন। ঠাকুরও গান করতে করতে কাউকে যে শোনাচ্ছেন এ কথা একেবারে ভুলে গিয়ে ভাবে বিভোর হয়ে শ্রীশ্রীজগদম্বাকেই যেন শোনাচ্ছেন, এমনভাবে গান গাইতে থাকেন। এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে; জগৎরূপ বৃহৎ সংসারের মতো ঠাকুরবাড়ির ক্ষুদ্র সংসারেও যে যার কাজ নিয়েই ব্যস্ত, এবং সাংসারিক কাজকর্ম ও স্বার্থচিন্তা বাদে যতটুকু সময় পায় তাতে পরনিন্দা-পরচর্চার মতো রুচিকর বিষয় নিয়ে নাড়াচাড়া করে নিজ নিজ মনের একদেশিতার অবসাদ দূর করে। কাজেই ছোট ভট্টাচার্যের ভিতরে ঈশ্বরপ্রেমে যে কী পরিবর্তন হচ্ছে, তার খবর রাখে কে? ‘ও একটা পাগল, বাবুদের কেমন একটা সুনজরে পড়েছে, তাই এখনও চাকরিটা বজায় আছে; তা-ই বা কদিন? কোন দিন এই একটা কী কাণ্ড করে বসবে আর বিদায় হবে! বড়লোকের মেজাজ—কিছু কি ঠিকঠিকানা আছে? খুশি হতেও যতক্ষণ, আর গরম হতেও ততক্ষণ’—ঠাকুরের সম্বন্ধে এরকম কথাবার্তাই কর্মচারীদের ভিতর কখনো কখনো হয়, এই মাত্র। ঠাকুরের ভাগনে ও সেবক হৃদয়ও তার আগেই ঠাকুরবাড়িতে এসে জুটেছে।
গুরুভাবে ঠাকুরের রানী রাসমণিকে দণ্ডবিধান
আজ রানী রাসমণি স্বয়ং ঠাকুরবাড়িতে এসেছেন। কর্মচারীরা সকলে শশব্যস্ত। যে ফাঁকিদার সে-ও আজ নিজের কর্তব্য অতি যত্নের সঙ্গে করছে। গঙ্গায় স্নানের পর রানী কালীঘরে দর্শন করতে গেলেন। তখন কালীর পূজা ও বেশভূষা হয়ে গেছে। জগন্মাতাকে প্রণাম করে রানী মন্দিরের ভিতরে শ্রীমূর্তির কাছে আসনে আহ্নিক-পূজা করতে বসলেন এবং ছোট ভট্টাচার্য বা ঠাকুরকে কাছে দেখে মা-র নামগান করতে অনুরোধ করলেন। ঠাকুরও রানীর কাছে বসে ভাবে বিভোর হয়ে রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধকদের পদাবলি গাইতে লাগলেন; রানী পূজা-জপাদি করতে করতে সেগুলি শুনতে লাগলেন। কিছুক্ষণ এভাবে কাটলে ঠাকুর হঠাৎ গান থামিয়ে বিরক্ত হয়ে উগ্রভাবে রুক্ষস্বরে বলে উঠলেন, “কেবল ঐ ভাবনা, এখানেও ঐ চিন্তা?” —বলেই রানীর কোমল অঙ্গে করতল দিয়ে আঘাত করলেন! সন্তানের কোনো অন্যায় আচরণ দেখে পিতা যেমন কুপিত হয়ে কখনো কখনো দণ্ডবিধান করেন, ঠাকুরেরও এখন ঠিক সেই ভাব! কিন্তু কে-ই বা তা বোঝে!
তার ফল
মন্দিরের কর্মচারী ও রানীর পরিচারিকারা সকলে হইচই করে উঠল। দারোয়ান শশব্যস্ত হয়ে ঠাকুরকে ধরতে ছুটল। বাইরের কর্মচারীরাও মন্দিরের ভিতরে এত গোলমাল কিসের ভেবে কৌতূহলী হয়ে সেদিকে এগোল। কিন্তু সেই গোলযোগের প্রধান কারণ যাঁরা—ঠাকুর ও রানী রাসমণি—তাঁরা দুজনেই এখন স্থির, গম্ভীর! কর্মচারীদের বকাবকি ছুটোছুটির দিকে লক্ষ না করে একেবারে উদাসীন থেকে ঠাকুর নিজের মধ্যে নিজেই স্থির, ও তাঁর মুখে মৃদু মৃদু হাসি; রানী রাসমণি শ্রীশ্রীজগদম্বার ধ্যান না করে আজ কেবলই একটি বিশেষ মোকদ্দমার ফলাফলের বিষয় ধ্যান করছিলেন, নিজের অন্তর পরীক্ষা করে এটা দেখতে পেয়ে তিনি ঈষৎ অপ্রতিভ ও অনুতাপে গম্ভীর! আবার ঠাকুর সে কথা কী করে জানতে পারলেন ভেবে রানীর মনে সেই ভাবের সঙ্গে কিছুটা বিস্ময়ের ভাবও রয়েছে! পরে কর্মচারীদের গোলমালে রানীর চমক ভাঙল, আর তিনি বুঝলেন—এই ঘটনায় নিরপরাধ ঠাকুরের উপর হীনবুদ্ধি লোকদের বিশেষ অত্যাচার হওয়ার সম্ভাবনা। তা বুঝে সকলকে গম্ভীরভাবে আজ্ঞা করলেন, “ভট্টাচার্য মহাশয়ের কোনো দোষ নেই। তোমরা ওঁকে কেউ কিছু বোলো না।” পরে মথুরবাবুও শাশুড়ি-ঠাকুরানীর কাছ থেকে ঘটনাটির সব কথা আদ্যোপান্ত শুনে কর্মচারীদের উপর সেই হুকুমই বহাল রাখলেন। এতে তাদের কেউ কেউ বিশেষ দুঃখিত হল; কিন্তু কী করবে, ‘বড় লোকের বড় কথায় আমাদের কাজ কী’ ভেবে চুপ করে রইল।
শ্রীচৈতন্য ও ঈশার জীবনে এরকম ঘটনা
ঘটনাটি শুনে পাঠক হয়তো ভাববে—এ আবার কোন দেশী গুরুভাব? লোকের গায়ে আঘাত করে এ আবার কীরকম গুরুভাবের প্রকাশ? আমরা বলি—জগতের ধর্মেতিহাস পাঠ করো, দেখবে লোকগুরু আচার্যদের জীবনে এমন ঘটনার উল্লেখ আছে। শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনে কাজিদলন, গুরুভাবে আত্মহারা হয়ে অদ্বৈত প্রভুকে মেরে ভক্তিদান প্রভৃতির কথা স্মরণ করো। ভেবে দেখো, মহামহিম ঈশার জীবনেও এমন ঘটনার অভাব নেই।
শিষ্যপরিবৃত ঈশা জেরুজালেমের ‘য়াভে’ দেবতার মন্দিরে দর্শনপূজাদি করার জন্য এসে উপস্থিত হলেন। ৺বারাণসী শ্রীবৃন্দাবনাদি তীর্থে দেবস্থানগুলি দর্শন করতে গিয়ে হিন্দুর মনে যেমন অপূর্ব পবিত্র ভাবের উদয় হয়, ইহুদি-মনে জেরুজালেমের মন্দির-দর্শনেও ঠিক তেমনই হবে—এতে আর সন্দেহ কী? তার উপর আবার ভাবমুখে অবস্থিত ঈশার মন! দূর থেকে মন্দির দেখেই ঈশা ভগবৎপ্রেমে বিভোর হয়ে দেবদর্শন করতে ছুটলেন। মন্দিরের বাইরে, দরজায়, প্রাঙ্গণে কত লোক কত রকমে দু-পয়সা রোজগার প্রভৃতি দুনিয়াদারিতেই ব্যস্ত। পাণ্ডা পুরোহিতেরা দেবদর্শন হোক আর না-ই হোক যাত্রীদের কাছ থেকে দু-পয়সা ঠকিয়ে নিতে লেগে আছে। আর দোকানি পসারিরা পূজার পশু, ফুল প্রভৃতি সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করে কিসে দু-পয়সা বেশি লাভ করবে, এই চিন্তাতেই মগ্ন। ভগবানের মন্দির তার কাছেই রয়েছে—এ কথা ভাবতে কার আর মাথাব্যথা পড়েছে? যা হোক, মন্দিরে প্রবেশের সময় ভাববিভোর ঈশার চোখে এসব কিছুই পড়ল না। সরাসরি মন্দিরের ভিতরে গিয়ে দেবদর্শন করে আনন্দে উৎফুল্ল হলেন এবং প্রাণের প্রাণ আত্মার আত্মারূপে তিনি অন্তরে রয়েছেন দেখতে পেয়ে আত্মহারা হলেন। মন্দির ও তার ভিতরের সকল বস্তু ও ব্যক্তিকে নিজের চেয়েও আপন বলে বোধ করতে লাগলেন; কারণ এখানে এসেই তো তিনি প্রাণারামের দর্শন পেলেন! পরে মন যখন আবার নিচে নেমে ভিতরের ভাবপ্রকাশ বাইরের ব্যক্তি ও বস্তুর ভিতর দেখতে গেল, তখন দেখলেন সবই বিপরীত। কেউই তাঁর প্রাণারামের সেবায় রত নয়; সকলেই কাম-কাঞ্চনের সেবাতেই ব্যস্ত! তখন নিরাশা ও দুঃখে তাঁর হৃদয় পূর্ণ হল। ভাবলেন—এ কী? তোরা বাইরে, সংসারের ভিতর যা করিস কর না, কিন্তু এখানে, যেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ—এখানে আবার এসব দুনিয়াদারি কেন? কোথায় এখানে এসে দুদণ্ড তাঁর চিন্তা করে সংসারের জ্বালা দূর করবি, তা না করে এখানেও সংসার এনে পুরেছিস! —ভেবে তাঁর হৃদয় ক্রোধে পূর্ণ হল এবং বেত হাতে উগ্রমূর্তি ধারণ করে তিনি সব দোকানি পসারিদের জোর করে মন্দিরের বাইরে তাড়িয়ে দিলেন। তারাও তখন তাঁর কথায় ক্ষণিক চৈতন্য লাভ করে যথার্থই দুষ্কর্ম করছি ভাবতে ভাবতে সুড়সুড় করে বাইরে চলে গেল; অতি বদ্ধ জীব—যার কথায় চৈতন্য হল না, সে তাঁর কশাঘাতে সেই জ্ঞান লাভ করে বেরিয়ে গেল। কিন্তু কেউই ক্রুদ্ধ হয়ে তাঁর উপর অত্যাচার করতে সাহস করল না।
ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও এভাবে আহত ব্যক্তি জ্ঞানলাভ করে তাঁকে ভগবদ্বুদ্ধিতে স্তবস্তুতি করেছে, অতি বদ্ধ জীবেরা তাঁর উপর অত্যাচার করতে এসে তাঁর হাসিতে বা কথায় স্তম্ভিত ও হতবুদ্ধি হয়ে গেছে—এমন অনেক ঘটনা দেখা যায়। যাক এখন ওসব পৌরাণিক কথা।
গুরুভাবের প্রেরণায় আত্মহারা ঠাকুরের অদ্ভুতভাবে শিক্ষাপ্রদান ও রানী রাসমণির সৌভাগ্য
গুরুভাবে সম্পূর্ণ আত্মহারা ঠাকুর যে কীভাবে অপরের সঙ্গে ব্যবহার করতেন ও শিক্ষাদি দিতেন, এই ঘটনাটি তার একটি জ্বলন্ত নিদর্শন। ঘটনাটি তলিয়ে দেখলে বড় কম ব্যাপার বলে বোধ হয় না। কোথায় একজন সামান্য বেতনমাত্রভোগী নগণ্য পূজারী ব্রাহ্মণ, আর কোথায় রানী রাসমণি—যাঁর ধন, মান, বুদ্ধি, ধৈর্য, সাহস ও প্রতাপে কলিকাতার তখনকার মহা মহা বুদ্ধিমানেরাও স্তম্ভিত! এমন দরিদ্র ব্রাহ্মণ যে তাঁর কাছে এগোতেই পারবে না, এটাই স্থির সিদ্ধান্ত করতে হয়। অথবা যদি কখনো কোনো কারণে তাঁর কাছে যায় তো চাটুকারিতা প্রভৃতি উপায়ে তাঁকে তিলমাত্র সন্তুষ্ট করতে পারলে নিজেকে কৃতার্থ জ্ঞান করবে, এবং সেজন্যই সুযোগ খুঁজতে থাকবে। তা না হয়ে একেবারে তার উল্টো! তাঁর অন্যায় আচরণের খালি প্রতিবাদ নয়, শারীরিক দণ্ডবিধান! ঠাকুরের দিক থেকে দেখলে এটা যেমন অল্প বিস্ময়ের কথা মনে হয় না, রানীর দিক থেকে দেখলে এমন ব্যবহারে যে তাঁর মনে ক্রোধ-অভিমান-হিংসাদি জাগল না, এটাও একটা কম কথা বলে মনে হয় না। তবে আগেই যেমন আমরা বলে এসেছি—স্বার্থগন্ধহীন বিরাট ‘আমি’টার সাহায্যে যখন মহাপুরুষদের মনে এভাবে গুরুভাব দেখা দেয়, তখন ইচ্ছা না থাকলেও সাধারণ মানুষকে তাঁদের কাছে নতশির হতে হবেই হবে, রানীর মতো ভক্তিমতী সাত্ত্বিকপ্রকৃতির তো কথাই নেই। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থনিবদ্ধদৃষ্টি মানব-মন তখন তাঁদের কৃপা ও শক্তিতে উন্নত হয়ে, তাঁরা যা করতে বলছেন তাতেই তার বাস্তবিক স্বার্থ—এ কথাটি আপনা-আপনি বুঝতে পারে। কাজেই তখন সেইমতো করা ছাড়া আর উপায়ান্তর থাকে না। আর এক কথা, ঠাকুর যেমন বলতেন—“তাঁর (ঈশ্বরের) বিশেষ অংশ ভিতরে না থাকলে কেউ কখনো কোনো বিষয়ে বড় হতে পারে না; বা মান, ক্ষমতা প্রভৃতি হজম[2] করতে পারে না!” সাত্ত্বিক-প্রকৃতি-সম্পন্না রানীর ভিতর তেমন ঐশী শক্তি বিদ্যমান ছিল বলেই, ঠাকুরের গুরুভাবের কৃপা ওইরকম কঠোরভাবে প্রকাশিত হলেও তিনি তা গ্রহণ করতে পেরেছিলেন। ঠাকুর বলতেন, “রানী রাসমণি শ্রীশ্রীজগদম্বার অষ্ট নায়িকার একজন! ধরাধামে তাঁর পূজা-প্রচারের জন্য এসেছিলেন। জমিদারির দলিল-পত্রাদিতে ছাপ দেওয়ার জন্য তাঁর যে সিলমোহর ছিল তাতেও লেখা ছিল—‘কালীপদ-অভিলাষী, শ্রীমতী রাসমণি দাসী।’ রানীর প্রতিটি কাজেই এমনিভাবে জগন্মাতার উপর অচলা ভক্তি প্রকাশ পেত।”
ঈশ্বরে তন্ময় মনের লক্ষণ-সম্বন্ধে শাস্ত্রমত
আর এক কথা—সর্বতোভাবে ঈশ্বরে তন্ময় মনের নানা ভাবে অবস্থানের কথা শাস্ত্রে লিপিবদ্ধ আছে। আচার্য শ্রীমৎ শঙ্কর তাঁর লেখা ‘বিবেকচূড়ামণি’ নামের গ্রন্থে তা সুন্দরভাবে বর্ণনা করেছেন –
দিগম্বরো বাপি চ সাম্বরো বা ত্বগম্বরো বাপি চিদম্বরস্থঃ।
উন্মত্তবদ্বাপি চ বালবদ্বা পিশাচবদ্বাপি চরত্যবন্যাম্॥ ৫৪১
– ঈশ্বরলাভ বা জ্ঞানলাভে সিদ্ধকাম পুরুষদের কেউ বা জ্ঞানরূপ বস্ত্রমাত্র পরিধান করে সম্পূর্ণ উলঙ্গ হয়ে, আবার কেউ বা বল্কল বা সাধারণ লোকের মতো বস্ত্র পরিধান করে, কেউ বা উন্মাদের মতো, আবার কেউ বা বাইরে থেকে দেখলে কামকাঞ্চনগন্ধহীন বালক, বা শৌচাচারবিবর্জিত পিশাচের মতো পৃথিবীতে বিচরণ করেন।
লোকগুরুদের এবং বিশেষত শ্রীরামকৃষ্ণদেবের ব্যবহার বোঝা এত কঠিন কেন
‘বিরাট আমি’-টার সঙ্গে তন্ময়ভাবে অনেকক্ষণ অবস্থান করেন বলে সাধারণ লোকের দৃষ্টিতে এঁদের এমন অবস্থা দেখা যায়। কিন্তু অজ্ঞানান্ধকার দূর করতে সমর্থ ঈশ্বরের গুরুভাব এঁদের ভিতর দিয়েই বিশেষভাবে প্রকাশিত হয়। কারণ, আগেই বলেছি—ক্ষুদ্র স্বার্থময় ‘আমি’-টার লোপ বা বিনাশেই জগদ্ব্যাপী বিরাট আমিত্ব এবং সেইসঙ্গে লোককল্যাণসাধনকারী শ্রীগুরুভাবের প্রকাশ হয়। এই সব জ্ঞানী পুরুষদের ভিতর আবার যাঁরা ঈশ্বরেচ্ছায় সর্বদা গুরু বা ঋষি-পদবিতে অবস্থান করেন, তাঁদের আবার অন্যদের শিক্ষার জন্য সদ্বিষয়ে তীব্রানুরাগ, অসদ্বিষয়ে তীব্র বিরাগ বা ক্রোধ, আচার, নিষ্ঠা, নিয়ম, তর্ক, যুক্তি, শাস্ত্রজ্ঞান বা পাণ্ডিত্য ইত্যাদি সব ভাবই অবস্থা অনুযায়ী সাধারণ মানুষের মতো দেখাতে হয়। ‘দেখাতে হয়’ বলছি এজন্য যে, ভিতরে ‘একমেবাদ্বিতীয়ং’ ব্রহ্মভাবে ভালোমন্দ, ধর্মাধর্ম, পাপ-পুণ্যাদি মায়ারাজ্যের অন্তর্গত সকল পদার্থে ও ভাবে একাকার জ্ঞান বা দৃষ্টি পূর্ণভাবে বিদ্যমান থাকলেও, অপরকে মায়ারাজ্যের পারে যাওয়ার পথ দেখানোর জন্য সেই সব ভাব নিয়ে তাঁরা কালযাপন করেন। সাধারণ গুরু বা ঋষিদেরই যখন এভাবে লোককল্যাণের জন্য অনেক সময় কালযাপন করতে হয়, তখন ঈশ্বরাবতার বা জগদ্গুরুর পদবিতে অধিষ্ঠিত আচার্যকুলের তো কথাই নেই। এজন্য তাঁদের বোঝা, ধরা সাধারণ মানুষের পক্ষে এত কঠিন হয়ে ওঠে; বিশেষত আবার বর্তমান যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাজকর্ম ও ব্যবহারাদি ধরা ও বোঝা। কারণ অবতারকুলে যেসব বাহ্যিক ঐশ্বর্য, শক্তি বা বিভূতির প্রকাশ এ পর্যন্ত শাস্ত্রে লিপিবদ্ধ আছে, সেসব এঁর মধ্যে এত গুপ্তভাবে প্রকাশিত ছিল যে, যথার্থ তত্ত্বজিজ্ঞাসু হয়ে এঁর কৃপা লাভ করে এঁর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধে নিবদ্ধ না হলে, এঁকে দু-চার বার ভাসা ভাসা, উপর উপর মাত্র দেখে কারও সেগুলির পরিচয় পাওয়ার উপায় ছিল না। দেখো না, বাহ্যিক কোন গুণ দেখে তুমি তাঁর প্রতি আকৃষ্ট হবে? বিদ্যায়—একেবারে নিরক্ষর বললেই চলে! শ্রুতিধরত্বগুণে বেদ-বেদান্তাদি সব শাস্ত্র শুনে যে তিনি সম্পূর্ণ আয়ত্ত করে রেখেছেন, এ কথা তুমি কেমন করে বুঝবে? বুদ্ধিতে তাঁকে ধরবে? “আমি কিছু নই, কিছু জানি না—সব আমার মা জানেন”—সর্বদা এমন বুদ্ধি যাঁর মধ্যে প্রকাশ পায়, তাঁর কাছে তুমি কোন বিষয়ে কী বুদ্ধি নিতে যাবে? আর নিতে গেলেও তিনি যখন বলবেন, “মাকে জিজ্ঞাসা করো, তিনি বলবেন”, তখন কি তুমি তাঁর কথায় বিশ্বাস স্থির রেখে সেইমতো করতে পারবে? তুমি ভাববে—“কী পরামর্শই দিলেন! ও-কথা তো আমরা সকলে ‘কথামালা’ ‘বোধোদয়’ পড়ার সময় থেকেই শুনে আসছি—ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান নিরাকার চৈতন্যস্বরূপ, ইচ্ছা করলে সব বিষয় জানিয়ে ও বুঝিয়ে দিতে পারেন; কিন্তু ও কথা নিয়ে কাজ করতে গেলে কি চলে?” ধনে, নাম-যশে তাঁকে ধরবে? ঠাকুরের নিজের তো ওসব খুবই ছিল! আবার ওসব ত্যাগ করতেই তো প্রথম থেকেই উপদেশ! এইরকম সব বিষয়ে। কেবল আকৃষ্ট হয়ে ধরার একমাত্র উপায় ছিল—তাঁর পবিত্রতা, ঈশ্বরানুরাগ ও প্রেম দেখা। এতে তুমি যদি আকৃষ্ট হলে তো হল, নইলে তাঁকে ধরা ও বোঝা তোমার পক্ষে বহু দূরে! তাই বলি, রানী রাসমণি যে অমন কঠোরভাবে প্রকাশিত ঠাকুরের গুরুভাব ধরতে পারলেন, এবং ঠাকুর ওইভাবে যে শিক্ষাদান করলেন, রানী তা অভিমান-অহংকারে ভাসিয়ে না দিয়ে হৃদয়ে ধারণ করে ধন্য হলেন—এ তাঁর কম ভাগ্যোদয়ের কথা নয়।
[1] ঠাকুরের অগ্রজকে ‘বড় ভট্টাচার্য’ বলে ডাকা হত, তাই ঠাকুর তখন এই নামে পরিচিত ছিলেন।
[2] মান প্রভৃতি হজম করা অর্থাৎ সেগুলি লাভ করেও মাথা ঠিক রাখা; অহংকারী হয়ে সেগুলির অপব্যবহার না করা।
হন্ত তে কথয়িষ্যামি দিব্যা হ্যাত্মবিভূতয়ঃ।
প্রাধান্যতঃ কুরুশ্রেষ্ঠ নাস্ত্যন্তো বিস্তরস্য মে॥
– গীতা, ১০।১৯
‘বড় ফুল ফুটতে দেরি লাগে’
আগেই বলেছি, ঠাকুরের জীবনে গুরুভাবের ধীর বিকাশ রানী রাসমণি ও মথুরবাবুর চোখের সামনেই অনেকটা হতে থাকে। উচ্চাঙ্গের ভাববিকাশ সম্বন্ধে ঠাকুর বলতেন, “বড় ফুল ফুটতে দেরি লাগে, সারবান গাছ অনেক দেরিতে বাড়ে।” ঠাকুরের জীবনেও অদৃষ্টপূর্ব গুরুভাবের বিকাশ হতে বড় কম সময় ও সাধনা লাগেনি; বারো বছরের নিরন্তর কঠোর সাধনা আবশ্যক হয়েছিল। সে সাধনার যথাসাধ্য পরিচয় দেওয়ার স্থান এটা নয়। এখানে চিৎসূর্যের কিরণমালায় সম্যক সমুদ্ভাসিত গুরুভাবরূপ কুসুমটির সঙ্গেই আমাদের বিশেষ সম্বন্ধ; তার কথাই বিশেষ করে বলে যাব। তবে এই ভাববিকাশের কথা গোড়া থেকে শেষ পর্যন্ত বলতে গিয়ে প্রসঙ্গক্রমে কোনো কোনো কথা এসে পড়বে। যে-সব ভক্তের সঙ্গে ঠাকুরের এই ভাবের পূর্ব-পূর্ব অবস্থায় সম্বন্ধ ছিল, তাদের কথাও কিছু না কিছু নিশ্চয় এসে পড়বে।
মথুরের সঙ্গে ঠাকুরের অদ্ভুত সম্বন্ধ। মথুর কেমন প্রকৃতির লোক ছিল
মথুরবাবুর সঙ্গে ঠাকুরের সম্বন্ধ এক অদ্ভুত ব্যাপার! মথুর ধনী অথচ উচ্চপ্রকৃতিসম্পন্ন, বিষয়ী হলেও ভক্ত, হঠকারী হয়েও বুদ্ধিমান, ক্রোধপরায়ণ হলেও ধৈর্যশীল এবং ধীরপ্রতিজ্ঞ ছিলেন। মথুর ইংরেজি-বিদ্যাভিজ্ঞ ও তার্কিক, কিন্তু কেউ কোনো কথা বুঝিয়ে দিতে পারলে তা ‘বুঝেও বুঝব না’—এরকম স্বভাবের ছিলেন না; ঈশ্বরবিশ্বাসী ও ভক্ত, কিন্তু তাই বলে ধর্ম সম্বন্ধে যে যা বলবে তা-ই যে চোখ-কান বুজে অবিচারে গ্রহণ করবেন, এমনও ছিল না, তা তিনি ঠাকুরই হোন বা গুরুই হোন বা অন্য যে-কেউই হোন; উদারপ্রকৃতি ও সরল, কিন্তু তাই বলে বিষয়কর্মে বা অন্য কোনো বিষয়ে যে বোকার মতো ঠকে আসবেন, সেরকমও ছিলেন না, বরং বিষয়ী জমিদারেরা যে কূটবুদ্ধি এবং সময়ে সময়ে অসদুপায়ের সাহায্যে প্রতিনিয়ত বিষয়বৃদ্ধি করেন, সে সবেরও প্রকাশ তাঁর মধ্যে কখনো কখনো দেখা গিয়েছে। বাস্তবিকই পুত্রহীনা রানী রাসমণির অন্য জামাতারা থাকলেও বিষয়কর্মের তত্ত্বাবধান ও সুবন্দোবস্তে কনিষ্ঠ মথুরবাবুই তাঁর ডান হাত ছিলেন; এবং শাশুড়ি ও জামাই দুজনের বুদ্ধি একসঙ্গে মিলেছিল বলেই রানী রাসমণির নামের তখন এতটা দপ্দপা হয়ে উঠেছিল।
ঠাকুরের গুরুভাব-বিকাশে রাণী রাসমণি ও মথুরের অজ্ঞাতভাবে সহায়তা। বন্ধু বা শত্রুভাবে সম্বদ্ধ যাবতীয় লোক অবতারপুরুষের শক্তিবিকাশে সহায়তা করে
পাঠক হয়তো বলবে—‘এ ধান ভানতে শিবের গীত’ কেন? ঠাকুরের কথা বলতে বলতে আবার মথুরবাবু কেন? কারণ, গুটি কেটে ভাবরূপী প্রজাপতিটি যখন বেরোচ্ছিল, তখন মথুরই তার ভাবী সৌন্দর্যের কিছু আভাস পেয়ে তার প্রধান রক্ষক ও সহায় হয়েছিলেন! রানী রাসমণি একটা মহা শুদ্ধ পবিত্র প্রেরণায় এই অদ্ভুত চরিত্রের বিকাশ ও প্রসারের উপযোগী স্থান নির্মাণ করলেন, আর তাঁর জামাতা মথুর তেমনই উচ্চ প্রেরণায় সেই দেবচরিত্র-বিকাশের সময় অন্য যা কিছু প্রয়োজন হল, সে সমস্ত জোগালেন। অবশ্য এ কথা আমরা এখন এতদিন পরে ধরতে পারছি; তাঁরা উভয়ে কিন্তু এ বিষয়ের আভাস কখনো কখনো কিছু কিছু পেলেও, সেসব কাজ যে কেন করছেন, পরেও তা হৃদয়ঙ্গম করতে সম্পূর্ণ সক্ষম হয়েছিলেন বলে বোধ হয় না। যুগে যুগে সব মহাপুরুষের জীবনালোচনা করতে গেলেই এমনই দেখা যায়। দেখা যায়, কী একটা অজ্ঞাত শক্তি অলক্ষ্যে অবস্থান করে কোথা থেকে তাঁদের সব বিষয়ের পথ পরিষ্কার করে দেন, সব সময়ে সর্বাবস্থায় তাঁদের সর্বতোভাবে রক্ষা করেন, অন্য সকলের শক্তিকে নিয়ন্ত্রণ করে তাঁদের অধীনে এনে দেন; অথচ সেই সব লোক জানতেও পারে না যে, তারা নিজেরা স্বাধীনভাবে, প্রেমে বা সেই সব দেবচরিত্রের উপর বিদ্বেষে যা করে যাচ্ছে, তা তাঁদেরই জন্য—তাঁদেরই কাজের সহায়ক হবে বলে—তাঁদেরই গন্তব্য পথের বাধা-বিঘ্নগুলি সরিয়ে তাঁদের ভিতরের শক্তি উদ্দীপিত করবে বলে! —আর মানুষ বহুকাল পরে তা বুঝতে পেরে অবাক হয়ে যায়! কৈকেয়ীর শ্রীরামচন্দ্রকে বনে পাঠানোর ফল দেখো; বসুদেব-দেবকীকে কারাগারে রেখে কংসের আজীবন চেষ্টার শেষ দেখো; পাছে সিদ্ধার্থের বৈরাগ্যোদয় হয় বলে রাজা শুদ্ধোদনের প্রমোদকানন-নির্মাণ দেখো; আচার্য শঙ্করকে অভিচারাদির সাহায্যে বিনষ্ট করার জন্য ক্রূর কাপালিক বৌদ্ধদের চেষ্টা দেখো; রাজপুরুষাদির সাহায্যে শ্রীচৈতন্যের প্রেমধর্মপ্রচারের বিরুদ্ধে বিদ্বেষ ও বিপক্ষতাচরণের ফল দেখো; আর দেখো মহামহিম ঈশাকে মিথ্যা অপরাধে হত্যা করার ফল! —সর্বত্রই ‘উলটা বুঝিলু রাম’[1] হয়ে গেল! অথচ মহাপরাক্রান্ত বুদ্ধিমান বিপক্ষ ও স্নেহপরবশ স্বপক্ষকুল কূটনীতি বা বিষয়বুদ্ধির সাহায্যে চিরকালই অন্যরকম ভেবে অন্য উদ্দেশ্যে কাজ করেছে এবং ভবিষ্যতেও ভাবতে ও করতে থাকবে। তবে শ্রীমদ্ভাগবত প্রভৃতি গ্রন্থে যেমন লিপিবদ্ধ আছে—শত্রুভাবে চললে সেই ঐশী শক্তির উদ্দেশ্য ও গতিবিধি সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ থেকে যেতে হয়, আর ভক্ত শ্রদ্ধাভক্তির সঙ্গে সেই ঐশী শক্তির অনুগামী হয়ে কখনো কখনো তার কিছু কিছু হৃদয়ঙ্গম করতে পারে, এইটুকুই; এবং সেই জ্ঞানের সাহায্যে ক্রমে ক্রমে বাসনাবর্জিত হয়ে মুক্তি ও চিরশান্তির অধিকারী হয়। মথুরবাবুর ক্রিয়াকলাপও শেষোক্ত ভাবের হয়েছিল।
সাধারণ মানবজীবনেও তেমনই। কারণ, তার সঙ্গে অবতারপুরুষের জীবনের বিশেষ সৌসাদৃশ্য আছে
অবতার-মহাপুরুষদের জীবনেই যে কেবল এই দৈবী শক্তির খেলা দেখা যায়, তা নয়। তবে তাঁদের জীবনে তার উজ্জ্বল খেলা সহজে ধরতে পেরে আমরা অবাক হই—এই পর্যন্ত। নইলে নিজ নিজ দৈনন্দিন জীবন এবং জগতের ব্যবহারিক জীবনের ইতিহাস আলোচনা করলেও আমরা সেই শক্তির যৎসামান্য প্রকাশ দেখতে পাই। বহুদর্শিতা থেকে বা মানবজীবনের বহু ঘটনার তুলনা ও আলোচনা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে, মানুষ সেই দৈবী শক্তির হাতে সর্বক্ষণই ক্রীড়াপুত্তলী হয়ে রয়েছে। অবতার-মহাপুরুষদের জীবনের সঙ্গে সাধারণ মানবজীবনের এমন সৌসাদৃশ্য থাকাটাও কিছু বিচিত্র ব্যাপার নয়। কারণ তাঁদের অলৌকিক জীবনাবলিই তো সাধারণ মানুষের জীবন-গঠনের ছাঁচ (type or model)। তাঁদের জীবনাদর্শেই তো সাধারণ মানুষ নিজের জীবনগঠনের প্রয়াস পাচ্ছে ও চিরকালই পাবে। দেখো না, রাম, কৃষ্ণ, চৈতন্য প্রভৃতি কয়েকজন মহাপুরুষ নানা জাতির নানা ভাবের সম্মিলনভূমি বিশাল ভারতজীবন কেমন অধিকার করে বসেছেন! আবার সেই সব পূর্ব পূর্ব মহাপুরুষের জীবনাদর্শগুলির একত্র সম্মিলনে অদৃষ্টপূর্ব নতুন ভাবে গঠিত বর্তমান যুগাবতার শ্রীরামকৃষ্ণের জীবনাদর্শ কেমন দ্রুতপদে আপন প্রবাহ বিস্তার করে এই অল্প সময়ের মধ্যেই বর্তমান ভারত-ভারতীর জীবন অধিকার করে বসছে! কালে এ কীভাবে কতদূর গিয়ে দাঁড়াবে, তা তোমার সাধ্য থাকে তো বলো; আমরা কিন্তু, হে পাঠক, তা বুঝতে ও বলতে সম্পূর্ণ অপারগ।
মথুর ভক্ত ছিল বলে নির্বোধ ছিল না
আর এক কথা—মথুরবাবু ঠাকুরকে যেমন অকপটে ‘পাঁচসিকে পাঁচ আনা’ ভক্তি-বিশ্বাস করতেন, তা শুনে আমাদের মতো সন্দেহদুষ্ট মন প্রথমেই ভেবে ফেলে—‘লোকটা বোকা বাঁদর গোছের একটা ছিল আর কী, নইলে মানুষকে মানুষ এতটা বিশ্বাস-ভক্তি করতে পারে কখনো? আমরা যদি হতাম তো একবার দেখে নিতাম—শ্রীরামকৃষ্ণদেব কেমন করে নিজের চরিত্রবলে অতটা ভক্তি-বিশ্বাস আমাদের প্রাণে জাগাতে পারতেন!’ যেন প্রাণের ভিতর ভক্তি-বিশ্বাসের উদয় হওয়াটা একটা বিশেষ নিন্দার ব্যাপার। সেজন্য ঠাকুরের কাছ থেকে মথুরবাবু সম্বন্ধে আমরা যতটুকু যেমন শুনেছি ও বুঝেছি, তা-ই এখানে পাঠককে বলে বোঝানোর প্রয়াস পাচ্ছি যে, মথুরবাবু সেরকম স্বভাবের ছিলেন না। তিনি আমাদের চেয়ে বড় কম বুদ্ধিমান বা সন্দিগ্ধমনা ছিলেন না। তিনিও ঠাকুরের অলৌকিক চরিত্র ও কার্যকলাপে সন্দিহান হয়ে প্রথম প্রথম প্রতি পদে তাঁকে বড় কম যাচাই করে নেননি। কিন্তু করলে কী হবে? কখনো, কোনো যুগে মানুষ যেমনটি চোখে দেখেনি, ঠাকুরের সেই বিজ্ঞাননাদিনী প্রেমাবর্তশালিনী মহা ওজস্বিনী ভাব-মন্দাকিনীর গুরুগম্ভীর বেগ মথুরের সন্দেহ-ঐরাবত আর কতক্ষণ সহ্য করতে পারে? অল্পকালেই স্খলিত, মথিত, ধ্বস্ত ও বিপর্যস্ত হয়ে চিরকালের মতো কোথায় ভেসে গেল! কাজেই সর্বতোভাবে পরাজিত মথুর তখন আর কী করতে পারে? অনন্যমনে ঠাকুরের শ্রীপদে শরণ নিল। অতএব মথুরের কথা বললেও আমরা ঠাকুরের গুরুভাবেরই কীর্তন করছি, এ কথা বুঝতে বিলম্ব হবে না।
ঠাকুরের প্রতি মথুরের প্রথম আকর্ষণ কী দেখে এবং তার ক্রমপরিণতি
ঠাকুরের সরল বালকভাব, মধুর প্রকৃতি এবং সুন্দর রূপে মথুর প্রথম দর্শনেই তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। পরে সাধনার প্রথম অবস্থায় ঠাকুরের যখন কখনো কখনো দিব্যোন্মাদ অবস্থা দেখা দিতে লাগল, যখন শ্রীশ্রীজগদম্বার পূজা করতে করতে আত্মহারা হয়ে এবং নিজের ভিতর তাঁর দর্শনলাভ করে তিনি কখনো কখনো নিজেকেই পূজা করে ফেলতে লাগলেন, যখন অনুরাগের প্রবল বেগে তিনি বৈধী ভক্তির সীমা উল্লঙ্ঘন করে দৈনন্দিন জীবনে প্রেমপূর্ণ নানারকম বিধিবহির্ভূত, সাধারণ চোখে অহেতুক আচরণ করে ফেলে সাধারণ মানুষের নিন্দা ও সন্দেহের পাত্র হতে লাগলেন, তখন বিষয়ী মথুরের তীক্ষ্ণবুদ্ধি ও ন্যায়পরতা বলে উঠল, “যাঁকে প্রথম দর্শনে সুন্দর সরল প্রকৃতির বলে বুঝেছি, স্বচক্ষে না দেখে তাঁর বিরুদ্ধে কোনো কথা বিশ্বাস করা হবে না।” সেইজন্যই মথুর গোপনে গোপনে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এসে ঠাকুরের কার্যকলাপ তন্ন তন্ন করে নিরীক্ষণ করতেন, এবং তা করার ফলেই এই সিদ্ধান্তে উপনীত হলেন যে, “যুবক গদাধর অনুরাগ ও সরলতার মূর্তিমান জীবন্ত প্রতিমা; ভক্তি-বিশ্বাসের আতিশয্যেই এমন করে ফেলছেন!” তাই বুদ্ধিমান বিষয়ী মথুর তাঁকে বোঝাবার চেষ্টা করতেন যে, “যা রয় সয়, তাই করা ভালো; ভক্তি-বিশ্বাস করাটা ভালো কথা, কিন্তু একেবারে আত্মহারা হলে চলে কি? তাতে লোকের নিন্দাভাজন তো হতে হবেই, আবার দশজনে যা বলে তা না শুনে বরাবর নিজের মনোমতো আচরণ করে গেলে বুদ্ধিভ্রষ্ট হয়ে পাগল হওয়ারও সম্ভাবনা আছে”; কিন্তু মথুর এসব কথা এভাবে বোঝালেও তাঁর অন্তর্নিহিত সুপ্ত ভক্তি সংসর্গগুণে জেগে কখনো কখনো বলে উঠত, “কিন্তু রামপ্রসাদ প্রভৃতি পূর্ব পূর্ব সাধককুলেরও তো ভক্তিতে এমন পাগলের মতো ব্যবহারের কথা শোনা গিয়েছে; শ্রীগদাধরের এই আচরণ ও অবস্থাও তো সেরকম হতে পারে।” কাজেই, মথুর ঠাকুরের আচরণে বাধা না দিয়ে কতদূর কী দাঁড়ায় তা-ই দেখে যাওয়ার সংকল্প করলেন, এবং দেখে শুনে পরে যা যুক্তিযুক্ত মনে হবে তা-ই করবেন, এটাই স্থির করলেন। অধীনস্থ সামান্য কর্মচারীর উপর বিষয়ী প্রভুর এমন ব্যবহার কম ধৈর্যের পরিচায়ক নয়।
ভক্তির সংক্রামক শক্তিতে মথুরের পরিবর্তন
ভক্তির একটা সংক্রামক শক্তি আছে। শারীরিক বিকারগুলির মতো মানসিক ভাবগুলিরও একজন থেকে অন্যজনে সংক্রমণ আমরা নিত্য দেখতে পাই। কারণ, একই পদার্থের বিকারে একই নিয়মে যে স্থূল ও সূক্ষ্ম সমগ্র জগৎ গ্রথিত রয়েছে, তা আজকাল আর কেবলমাত্র বৈদিক ঋষিদের অনুভূতি দিয়ে প্রমাণ করার আবশ্যকতা নেই—জড়বিজ্ঞানও এ কথা প্রায় প্রমাণ করে এনেছে। অতএব একজনের ভক্তিরূপ মানসিক ভাব জেগে উঠে অন্যের মধ্যে নিহিত সুপ্ত সেই ভাবকে যে জাগিয়ে তুলবে, এতে আর বিচিত্র কী! এইজন্যই শাস্ত্র এত করে বলেছেন যে, সাধুসঙ্গ ধর্মভাব উদ্দীপিত করার বিশেষ সহায়ক। মথুরের ভাগ্যেও যে ঠিক তেমনই হয়েছিল, তা বেশ অনুমান করা যায়। তিনি দিন দিন ঠাকুরের ক্রিয়াকলাপ যতই লক্ষ করতে লাগলেন, ততই তাঁর ভিতরের ভক্তিভাব তাঁর অজ্ঞাতসারে জেগে উঠতে লাগল। তাঁর পর পর কাজগুলিতে আমরা এর বেশ পরিচয় পাই। তবে বিষয়ী মনের যেমন হয়—এই ভক্তিবিশ্বাসের উদয়, আবার পরক্ষণেই সন্দেহ—এরকম বারবার হয়ে অনেকদিন ধরে দোলায়মান থাকার পর তবে মথুরের হৃদয়ে ঠাকুরের আসন দৃঢ় ও অবিচলিত হয়েছিল, এ কথা সুনিশ্চিত। সেইজন্য দেখতে পাই, ঠাকুরের ব্যাকুল অনুরাগ ও আচরণাদি প্রথম প্রথম মথুরের চোখে ভক্তির আতিশয্য বলে বোধ হলেও, ঠাকুরের জীবনে সেগুলি যেই দিন দিন বাড়তে লাগল, অমনি মথুরানাথের মনে সন্দেহ দেখা দিল—এঁর তো বুদ্ধিভ্রংশ হচ্ছে না? কিন্তু এ সন্দেহে তাঁর মনে দয়াই জাগল, এবং সুচিকিৎসকের সাহায্যে ঠাকুরের শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়ে যাতে সেই সব মানসিক বিকার প্রশমিত হয়, মথুর সেদিকেই মনোনিবেশ করলেন।
ঠাকুরের সঙ্গে আধুনিক ভাবে শিক্ষিত মথুরের তর্ক-বিচার। প্রাকৃতিক নিয়মের পরিবর্তন ঈশ্বরেচ্ছায় হয়। লাল জবার গাছে সাদা জবা
ইংরেজিতে মথুরবাবুর ব্যুৎপত্তি মন্দ ছিল না, এবং ইংরেজি বিদ্যার সাহায্যে পাশ্চাত্য চিন্তাপ্রণালী ও ভাবস্রোত মনের ভিতর প্রবেশ করে “আমিও একটা কেও-কেটা নই, অপর সকলের সঙ্গে সমান”—এইরকম যে একটা স্বাধীনভাব মানুষের মনে এনে দেয়, সে ভাবটাও মথুরবাবুর কম ছিল না। সেজন্য যুক্তিতর্কাদি দিয়ে ঠাকুরকে এভাবে ঈশ্বরভক্তিতে একেবারে আত্মহারা হওয়ার পথ থেকে ফেরানোর প্রয়াসও আমরা মথুরবাবুর ভিতর দেখতে পাই। দৃষ্টান্তস্বরূপ এখানে জাগতিক ব্যাপারে ঈশ্বরকে স্বকৃত নিয়মের (Law) বাধ্য হয়ে চলতে হয় কি না—তা নিয়ে ঠাকুর ও মথুরবাবুর কথোপকথনের উল্লেখ করা যেতে পারে। ঠাকুর বলতেন, “মথুর বলেছিল, ‘ঈশ্বরকেও আইন মেনে চলতে হয়। তিনি যা নিয়ম একবার করে দিয়েছেন, তা রদ করবার তাঁরও ক্ষমতা নেই!’ আমি বল্লুম, ‘ও কী কথা তোমার? যার আইন, ইচ্ছে করলে সে তখনি তা রদ করতে পারে বা তার জায়গায় আর একটা আইন করতে পারে।’ ও কথা সে কিছুতেই মানলে না। বললে, ‘লালফুলের গাছে লালফুলই হয়, সাদা ফুল কখনো হয় না; কেন না, তিনি নিয়ম করে দিয়েছেন। কই লালফুলের গাছে সাদা ফুল তিনি এখন করুন দেখি?’ আমি বললুম, ‘তিনি ইচ্ছে করলে সব করতে পারেন, তাও করতে পারেন।’ সে কিন্তু ও কথা নিলে না। তার পরদিন ঝাউতলার দিকে শৌচে গেছি; দেখি যে একটা লাল জবাফুলের গাছে, একই ডালে দুটো ফেঁকড়িতে দুটো ফুল—একটি লাল, আর একটি ধপধপে সাদা, এক ছিটেও লাল দাগ তাতে নেই। দেখেই ডালটি সুদ্ধ ভেঙে এনে মথুরের সামনে ফেলে দিয়ে বল্লুম, ‘এই দেখ।’ তখন মথুর বললে, ‘হাঁ বাবা, আমার হার হয়েছে’!” শারীরিক বিকারেই যে ঠাকুরের মানসিক বিকার দেখা দিয়ে এমন ভক্তির আতিশয্যরূপে প্রকাশ পাচ্ছে, কখনো কখনো এই বিশ্বাসে মথুর যে এভাবে তাঁর সঙ্গে নানা বাদানুবাদ করে তাঁর সেই ভাব ফেরানোর চেষ্টা করতেন, তা আমরা বেশ বুঝতে পারি।
ঠাকুরের অবস্থা নিয়ে মথুরের নিত্য বাধ্য হয়ে আলোচনা
কিছুটা কৌতূহলে, কিছুটা ঠাকুরের ভাববিহ্বলতাটা একরকম শারীরিক রোগ মনে করে দয়ায়, এবং কখনো কখনো ঠাকুরের এই অবস্থা ঠিক ঠিক ঈশ্বরভক্তির ফল ভেবে বিস্ময় ও ভক্তিতে পূর্ণ হয়ে বিষয়ী মথুর যে এমনি করে ক্রমে ক্রমে তাঁর সঙ্গে অনেকটা সময় কাটাতে লাগলেন এবং তাঁর বিষয়ে অনেক চিন্তা ও আলোচনাও করতে লাগলেন, তা স্পষ্ট বোঝা যায়। আর স্থির নিশ্চিন্তই বা থাকবেন কী করে? ঠাকুর যে নবানুরাগের প্রবল প্রবাহে রোজই এক একটা নতুন ব্যাপার করে বসেন! আজ পূজার আসনে বসে নিজের ভিতরে শ্রীশ্রীজগদম্বার দর্শনলাভ করে পূজার সামগ্রীগুলি নিজেই ব্যবহার করেছেন, কাল তিন ঘণ্টা ধরে শ্রীশ্রীজগন্মাতার আরতি করে মন্দিরের কর্মচারীদের ব্যতিব্যস্ত করে তুলেছেন, পরশু ভগবানলাভ হল না বলে মাটিতে গড়াগড়ি দিয়ে মুখ ঘষতে ঘষতে এমন ব্যাকুল হয়ে কেঁদেছেন যে, চারদিকে লোক দাঁড়িয়ে গিয়েছে! এরকম এক এক দিনের এক এক ব্যাপারের কত কথাই না ঠাকুরের কাছে আমরা শুনেছি!
‘মহিম্নঃস্তোত্র’ পড়তে পড়তে ঠাকুরের সমাধি ও মথুর
একদিন শিবমন্দিরে প্রবেশ করে ঠাকুর ‘মহিম্নঃস্তোত্র’ পাঠ করে মহাদেবের স্তব করতে লাগলেন। পাঠ করতে করতে ক্রমে যখন এই শ্লোকটি আবৃত্তি করতে লাগলেন, তখন একেবারে অপূর্ব ভাবে আত্মহারা হয়ে পড়লেন –
অসিতগিরিসমং স্যাৎ কজ্জলং সিন্ধুপাত্রে
সুরতরুবরশাখা লেখনী পত্রমুর্বী।
লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালং
তদপি তব গুণানামীশ পারং ন যাতি॥ ৩২
– হে মহাদেব, সমুদ্রগভীর পাত্রে বিশাল হিমালয়শ্রেণির মতো পুঞ্জ পুঞ্জ কালি রেখে, কোনো অসম্ভব পদার্থের কামনা করলেও যাঁর তৎক্ষণাৎ তা সৃষ্টি বা রচনা করে যাচকের মনোরথ পূর্ণ করার ক্ষমতা আছে—সেই কল্পতরু-শাখার কলম ও পৃথিবীপৃষ্ঠের মতো আয়ত বিস্তৃত কাগজ নিয়ে, স্বয়ং বাগ্দেবী সরস্বতীও যদি তোমার অনন্ত মহিমার কথা লিখে শেষ করার প্রয়াস পান, তা হলেও কখনো তা করতে পারেন না।
শ্লোকটি পড়তে পড়তে ঠাকুর শিবমহিমা হৃদয়ে জ্বলন্ত অনুভব করে একেবারে বিহ্বল হয়ে পড়লেন; স্তব, স্তবের সংস্কৃত, পর পর আবৃত্তি করা প্রভৃতি সব কথা একেবারে ভুলে গিয়ে চিৎকার করে কেবলই বার বার বলতে লাগলেন, “মহাদেব গো! তোমার গুণের কথা আমি কেমন করে বলব!” আর তাঁর গাল বেয়ে দরদর ধারে নয়নাশ্রু অবিরাম বুকে এবং বুক থেকে কাপড়ে ও মাটিতে পড়ে মন্দিরতল সিক্ত করতে লাগল! সেই কান্নার রোল, পাগলের মতো গদগদ কথা ও অদৃষ্টপূর্ব আচরণে দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির ভৃত্য ও কর্মচারীরা চারদিক থেকে ছুটে এসে হাজির হল; এবং ঠাকুরকে এমন ভাবাপন্ন দেখে কেউ বা অবাক হয়ে শেষটা কী হয় দেখতে লাগল, কেউ বা ‘ও ছোট ভট্চাজের পাগলামি! আমি বলি আর কিছু—আজ কিছু বেশি বাড়াবাড়ি দেখচি’; কেউ বা ‘শেষে শিবের ঘাড়ে চড়ে বসবে না তো হে? হাত ধরে টেনে আনা ভাল’ ইত্যাদি নানা কথা বলতে লাগল, এবং রঙ্গরসের ঘটাও যে চলছিল, তা আর বলতে হবে না!
ঠাকুরের কিন্তু বাইরের হুঁশ আদৌ নেই। শিবমহিমানুভবে তন্ময় মন তখন বাহ্যজগৎ ছেড়ে বহু ঊর্ধ্বে উঠে গিয়েছে—সেখানে এ জগতের মলিন ভাবরাশি ও কথাবার্তা কখনো পৌঁছয় না। কাজেই কে কী ভাবছে, বলছে বা ব্যঙ্গ করছে, তা তাঁর কানে যাবে কী করে?
মথুরবাবু সেদিন ঠাকুরবাড়িতে ছিলেন; ভট্টাচার্য মহাশয়কে নিয়ে সেই গোলমাল শুনতে পেয়েই তিনিও সেখানে এলেন। কর্মচারীরা সসম্ভ্রমে পথ ছেড়ে দিল। মথুরবাবু এসেই ঠাকুরকে সেই ভাবাপন্ন অবস্থায় দেখে মুগ্ধ হলেন; তখন একজন কর্মচারী ঠাকুরকে শিবের কাছ থেকে জোর করে সরিয়ে আনার কথা তুলতেই মথুরবাবু বিশেষ বিরক্ত হয়ে বললেন, “যার মাথার উপর মাথা আছে, সে-ই যেন এখন ভট্টাচার্য মহাশয়কে ছুঁতে যায়!” কাজেই কর্মচারীরা ভয়ে আর কিছু বলতে বা করতে সাহস পেল না। কিছুক্ষণ পরে বাহ্যজগতের হুঁশ আসতে ঠাকুর মথুরবাবুকে ঠাকুরবাড়ির কর্মচারীদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে বালকের মতো ভয় পেয়ে তাঁকে জিজ্ঞাসা করতে লাগলেন, “আমি বেসামাল হয়ে কিছু করে ফেলেছি কি?” মথুরও তাঁকে প্রণাম করে বললেন, “না বাবা, তুমি স্তব পাঠ করছিলে; পাছে কেউ না বুঝে তোমায় বিরক্ত করে, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম!”
ঠাকুরের কাছে অন্যের সহজে আধ্যাত্মিক উন্নতিলাভের দৃষ্টান্ত
ঠাকুর আমাদের কাছে একদিন তাঁর সাধনকালের অবস্থা স্মরণ করে বলেছিলেন, “তখন তখন (সাধনকালে) যারা এখানে আসত, এখানকার সঙ্গে থেকে তাদের অতি শীঘ্র ঈশ্বর-উদ্দীপন হতো। বরানগর থেকে দুজন আসত—তারা জেতে খাট, কৈবত্ কি তামলি এমনি একটা; বেশ ভাল; খুব ভক্তি-বিশ্বাস করত ও প্রায় আসত। একদিন পঞ্চবটীতে তাদের সঙ্গে বসে আছি—আর তাদের ভেতর একজনের একটা অবস্থা হলো! দেখি বুকটা লাল হয়ে উঠেছে, চোখ ঘোর লাল, ধারা বেয়ে পড়ছে, কথা কইতে পাচ্ছে না, দাঁড়াতে পাচ্ছে না; দুবোতল মদ খাইয়ে দিলে যেমন হয়, তেমনি! কিছুতেই তার আর সে ভাব ভাঙে না! তখন ভয় পেয়ে মাকে বলি, ‘মা, একে কী করলি? লোকে বলবে, আমি কী করে দিয়েছি! ওর বাপ-টাপ সব বাড়িতে আছে; এখনই বাড়ি যেতে হবে।’ তার বুকে হাত বুলিয়ে দিই আর মাকে ঐরকম বলি। তবে কতক্ষণ বাদে একটু ঠাণ্ডা হয়ে বাড়ি যায়।”
মথুরের ঠাকুরকে একাধারে শিব-শক্তিরূপে দর্শন
ঠাকুরের জ্বলন্ত জীবনের সংস্পর্শে মথুরবাবুরও যে একসময়ে তেমনই একটা অদ্ভুত অবস্থার উদয় হয়েছিল এবং তাতে তাঁর বিশ্বাস-ভক্তি সহস্রগুণ বেড়ে উঠেছিল, তা আমরা ঠাকুরের শ্রীমুখ থেকে শুনেছি। সর্বদাই আপন ভাবে বিভোর ঠাকুর একদিন তাঁর ঘরের উত্তর-পূর্ব কোণে পূর্ব-পশ্চিমে বিস্তৃত যে লম্বা বারান্দাটি আছে, সেখানে আপন মনে গোঁ-ভরে পায়চারি করছিলেন। ঠাকুরবাড়ি ও পঞ্চবটীর মধ্যে যে একটি পৃথক বাড়ি আছে, ঠাকুরবাড়ির কর্মচারীরা যাকে এখনও ‘বাবুদের কুঠি’ বলে, তারই একটি ঘরে মথুরবাবু তখন একা আপন মনে বসে ছিলেন। মথুরবাবু যেখানে বসে ছিলেন, সেখান থেকে ঠাকুর যেখানে বেড়াচ্ছিলেন সেই জায়গাটি বড় বেশি দূরে না হওয়ায় বেশ নজরে পড়ছিল। কাজেই মথুরবাবু কখনও ঠাকুরের এভাবে গোঁ-ভরে বেড়ানো লক্ষ করে তাঁর কথা চিন্তা করছিলেন, আবার কখনও বা বিষয়কর্মের এ কথা সে কথা মনে মনে নাড়াচাড়া করে ভবিষ্যৎ কার্যপ্রণালী ঠিক করছিলেন। মথুরবাবু যে বৈঠকখানায় বসে ঠাকুরকে মাঝে মাঝে এইভাবে লক্ষ করছেন, ঠাকুর তা আদৌ জানতেন না। আর জানা থাকলেই বা কী? —দুজনের সামাজিক, সাংসারিক ও অন্য সবরকম অবস্থার পার্থক্য এতটা যে, জানা থাকলেও কারও জন্য কারও বড় বেশি ব্যতিব্যস্ত হওয়ার কারণ ছিল না। সে দিক দিয়ে বরং ঠাকুর ঈশ্বরীয় ভাবে তন্ময় ও অন্যমনস্ক না থাকলে, মথুরবাবুর কথা টের পেয়ে সংকুচিত হয়ে তাঁরই সেখান থেকে সরে যাওয়ার কথা ছিল। কারণ, ধনী, মানী, বিদ্যাবুদ্ধিসম্পন্ন বাবু, যাঁকে ঠাকুরবাড়ির ও রানীর সমস্ত বিষয়ের মালিক বললেও চলে এবং যাঁর সুনজরে পড়েছিলেন বলেই ঠাকুর তখনও সেখান থেকে বিতাড়িত হননি, তাঁর সামনে একজন সামান্য নগণ্য দরিদ্র পূজক ব্রাহ্মণ, যাঁকে লোকে তখন নির্বোধ, উন্মাদ, অনাচারী বলেই জানত এবং ঠাট্টা-বিদ্রূপ করতেও ছাড়ত না, কেমন করে ভীত সংকুচিত না হয়ে পারে, বলো? কিন্তু ঘটনা অভাবনীয়, অচিন্তনীয় হয়ে দাঁড়াল—মথুরবাবুই হঠাৎ ব্যস্তসমস্ত হয়ে দৌড়ে ঠাকুরের কাছে এলেন এবং প্রণত হয়ে তাঁর পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন!
ঠাকুর বলেন, “বললুম, তুমি এ কী করচ? তুমি বাবু, রানীর জামাই, লোকে তোমায় এমন করতে দেখলে কী বলবে? স্থির হও, ওঠ। সে কি তা শোনে! তারপর ঠাণ্ডা হয়ে সকল কথা ভেঙে বললে—অদ্ভুত দর্শন হয়েছিল! বললে—‘বাবা, তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম, যখন এদিকে এগিয়ে আসছ, দেখচি তুমি নও, আমার ঐ মন্দিরের মা! আর যাই পেছন ফিরে ওদিকে যাচ্চ, দেখি কী যে সাক্ষাৎ মহাদেব! প্রথম ভাবলুম, চোখের ভ্রম হয়েছে; চোখ ভাল করে পুঁছে ফের দেখলুম—দেখি তাই! এইরূপ যতবার করলুম দেখলুম তাই।’ এই বলে আর কাঁদে! আমি বললুম, ‘আমি তো কই কিছু জানি না, বাবু’—কিন্তু সে কি শোনে! ভয় হলো, পাছে এ কথা কেউ জেনে গিন্নিকে, রানী রাসমণিকে বলে দেয়। সেই বা কী ভাববে—হয়তো বলবে কিছু গুণ টুন করেছে! অনেক করে বুঝিয়ে সুঝিয়ে বলায় তবে সে ঠাণ্ডা হয়! মথুর কি সাধে এতটা করত—ভালবাসত? মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে শুনিয়ে দিয়েছিল। মথুরের ঠিকুজিতে কিন্তু লেখা ছিল, বাবু, তার ইষ্টের তার উপর এতটা কৃপাদৃষ্টি থাকবে যে, শরীর ধারণ করে তার সঙ্গে সঙ্গে ফিরবে, রক্ষা করবে।”
এই দর্শনের ফল
এরপর থেকে মথুরের বিশ্বাস অনেকটা পাকা হয়ে দাঁড়াল। কারণ, এই প্রথম তিনি আভাস পেলেন যে, প্রথম দর্শনেই যাঁর প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন, অন্যে না বুঝে নিন্দা করলেও যাঁর মনোভাব ও আচরণ তিনি অনেক সময় ধরতে ও বুঝতে পেরেছেন, সেই ঠাকুর বাস্তবিকই সামান্য নন; জগদম্বা তাঁরই প্রতি কৃপা করে ঠাকুরের শরীরের ভিতরে সাক্ষাৎ বর্তমান রয়েছেন। এই সময় থেকেই তাঁর মনে হতে লাগল, মন্দিরের পাষাণময়ীই বুঝি শরীর ধারণ করে তাঁর জন্মপত্রিকার কথামতো তাঁর সঙ্গে সঙ্গে ফিরছেন! —তখন থেকে ঠাকুরের সঙ্গে মথুরবাবুর ঘনিষ্ঠতা বিশেষভাবে বেড়ে গেল।
মথুরের মহাভাগ্য-সম্বন্ধে শাস্ত্রপ্রমাণ
মথুরের বাস্তবিকই মহাভাগ্যোদয় হয়েছিল। শাস্ত্র বলেন, যতদিন শরীর থাকবে ততদিন ভালো-মন্দ দুই প্রকার কর্ম মানুষকে করতে হবেই—সাধারণ মানুষের তো কথাই নেই, মুক্ত পুরুষদেরও! সাধারণ মানুষ নিজকৃত সুকৃত-দুষ্কৃতের ফল নিজেই ভোগ করে। এখন, মুক্ত পুরুষদের শরীরকৃত পাপপুণ্যের ফলভোগ করে কে? তাঁরা তো আর নিজেরা তা করতে পারেন না? কারণ, সুখ-দুঃখাদি ভোগ করবে যে অভিমান-অহংকার, তা তো চিরকালের মতো তাঁদের ভিতর থেকে উড়ে-পুড়ে গেছে; তবে সেই ফলভোগ করে কে? আবার কর্মফল তো অবশ্যম্ভাবী, এবং মুক্ত পুরুষদের শরীরটা যতদিন জীর্ণ পাতার মতো পড়ে না যায়, ততদিন তো সেই শরীর দিয়ে ভালো-মন্দ কতকগুলি কাজ হবেই হবে। শাস্ত্র এখানে বলেন—যে বদ্ধ পুরুষেরা তাঁদের সেবা করে, ভালোবাসে, তারাই মুক্তাত্মাদের কৃত শুভকর্মের, এবং যারা তাঁদের দ্বেষ করে, তারাই তাঁদের শরীরকৃত অশুভ কর্মের ফলভোগ করে।[2] সাধারণ মুক্ত পুরুষদের সেবাতেই যদি এমন ফললাভ হয়, তবে ঈশ্বরাবতারদের ভক্তিপ্রীতিপূর্ণ সেবার যে কতখানি ফল, তা কে বলতে পারে?
দিন দিন ঠাকুরের গুরুভাবের আরও বিকাশ ও মথুরের তাঁকে পরীক্ষা করে অনুভব
দিনের পর দিন যতই চলে যেতে লাগল, মথুরবাবুও ততই ঠাকুরের গুরুভাবের পরিচয় স্পষ্ট—স্পষ্টতর পেতে পেতে ঠাকুরের প্রতি অবিচলা ভক্তি করতে লাগলেন। ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেল; যেমন—ভগবদ্বিরহে ঠাকুরের বিষম গাত্রদাহ ও তার চিকিৎসা; ব্রাহ্মণী ভৈরবীর দক্ষিণেশ্বরে শুভাগমন ও বৈষ্ণবগ্রন্থ থেকে প্রমাণ উদ্ধৃত করে মথুরবাবুর আহ্বানে আসা পণ্ডিতমণ্ডলীর সামনে ঠাকুরের অবতারত্ব-প্রতিপাদন, মহাবৈদান্তিক জ্ঞানী তোতাপুরীর আগমন ও ঠাকুরের সন্ন্যাসগ্রহণ, ঠাকুরের বৃদ্ধা জননীর দক্ষিণেশ্বরে আগমন ও বাস ইত্যাদি, ইত্যাদি। কিন্তু সেই অদ্ভুত দর্শনের দিন থেকে মথুরানাথ ঠাকুরের জীবনের প্রায় সব দৈনন্দিন ঘটনার সঙ্গেই বিশেষভাবে যুক্ত হয়ে পড়লেন। ঠাকুরের চিকিৎসার জন্য মথুর কলিকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ ৺গঙ্গাপ্রসাদ সেন ও ডাক্তার ৺মহেন্দ্রলাল সরকারকে দেখানোর বন্দোবস্ত করে দিলেন; ঠাকুরের সাধ হল, হিন্দুস্থানি স্ত্রীলোকেরা যেমন পাঁইজর প্রভৃতি অলংকার ব্যবহার করেন, শ্রীশ্রীজগদম্বাকে সেইরকম পরাবেন—মথুর তৎক্ষণাৎ তা গড়িয়ে দিলেন; বৈষ্ণবতন্ত্রোক্ত সখীভাব-সাধনকালে ঠাকুরের ইচ্ছা হল, স্ত্রীলোকদের মতো বেশভূষা করবেন—মথুরানাথ তৎক্ষণাৎ এক ‘স্যুট’ ডায়মণ্ডকাটা অলংকার, বেনারসী শাড়ি, ওড়না প্রভৃতি আনিয়ে দিলেন। ঠাকুরের পানিহাটির উৎসব দেখার সাধ হয়েছে জেনে মথুর তৎক্ষণাৎ তার বন্দোবস্ত করে দিয়েই যে ক্ষান্ত হলেন তা নয়, পাছে সেখানে ভিড়ে-ভাড়ে তাঁর কষ্ট হয় ভেবে নিজে গুপ্তভাবে দারোয়ান সঙ্গে নিয়ে ঠাকুরের শরীর রক্ষা করতে গেলেন। এভাবে প্রতি ব্যাপারে মথুরের অদ্ভুত সেবার কথা যেমন আমরা একদিকে শুনেছি, তেমনি আবার অন্যদিকে নষ্টস্বভাবা স্ত্রীলোকদের লাগিয়ে ঠাকুরের মনে অসৎ ভাবের উদয় হয় কি না পরীক্ষা করার কথা, ঠাকুরবাড়ির দেবোত্তর সম্পত্তি সমস্ত ঠাকুরের নামে লিখে-পড়ে দেওয়ার প্রস্তাবে ঠাকুর ভাবাবস্থায় “কী! আমাকে বিষয়ী করতে চাস?” —বলে মথুরের উপর বিষম ক্রুদ্ধ হয়ে মারতে যাওয়ার কথা; আর মথুর জমিদারি-সংক্রান্ত দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হয়ে নরহত্যার অপরাধে রাজদ্বারে বিশেষভাবে দণ্ডিত হওয়ার ভয়ে সেই বিপদ থেকে উদ্ধার-কামনায় ঠাকুরের কাছে সব দোষ স্বীকার করে তাঁর শরণাপন্ন হয়েছিলেন এবং তা থেকে নিস্তার পেয়েছিলেন—এমন অনেক কথাও ঠাকুরের শ্রীমুখ থেকে শুনেছি। এই সব ঘটনা থেকেই মথুরবাবুর মনে ঠাকুরের প্রতি ভক্তি যে ক্রমে ক্রমে দৃঢ় অচল হয়ে আসছিল, আমরা তার পরিচয় পাই। আর এমন না হয়ে অন্যরকমই বা হবে কী করে? ঠাকুরের অদ্ভুত অলৌকিক দেবদুর্লভ স্বভাব যেমন একদিকে মথুরের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দিনের পর দিন আরও সমুজ্জ্বল হয়ে উঠল, অন্যদিকে তেমনি ঠাকুরের অপার অহেতুক ভালোবাসা মথুরের হৃদয় অধিকার করে বসল। মথুর দেখলেন, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি দিয়েও এঁকে ত্যাগীর ভাব থেকে হটাতে পারলাম না, সুন্দরী নারীদের দিয়ে এঁর মনে বিকার জাগাতে পারলাম না, পার্থিব মান-যশেও—কারণ মানুষকে মানুষ ভগবান বলে পূজা করার চেয়ে বেশি মান আর কী দিতে পারে—এঁকে কিছুমাত্র টলাতে বা অহংকারী করতে পারলাম না, পার্থিব কোনো বিষয়েই ইনি প্রার্থী নন—অথচ আমার চরিত্রের সমস্ত দুর্বলতার কথা জেনেও আমাকে ঘৃণা করছেন না, নিজের লোকের চেয়েও আপন করে ভালোবাসছেন, বিপদ থেকে বার বার উদ্ধার করছেন, আর কিসে আমার সর্বাঙ্গীণ কল্যাণ হয় তা-ই চিন্তা করছেন! —এর কারণ কী? বুঝলেন, ইনি মনুষ্যশরীরধারী হলেও ‘যে দেশে রজনী নাই’ সেই রাজ্যের লোক। এঁর ত্যাগ অদ্ভুত, সংযম অদ্ভুত, জ্ঞান অদ্ভুত, ভক্তি অদ্ভুত, সকল প্রকার কর্ম অদ্ভুত, এবং সর্বোপরি তাঁর মতো দুর্বল অথচ অহংকারী জীবের উপর এঁর করুণা ও ভালোবাসা অদ্ভুত!
আর একটি কথাও মথুরানাথ সঙ্গে সঙ্গে প্রাণে প্রাণে অনুভব করলেন—এই অদ্ভুত চরিত্রের মাধুর্য! এমন অলৌকিক ঐশী শক্তির বিকাশ এঁর ভিতর দিয়ে হলেও, ইনি নিজে যে বালক, সেই বালক! এতটুকু অহংকার নেই—এ কী চমৎকার ব্যাপার! নিজের ভিতর যে-কোনো ভাব উঠুক না কেন, পাঁচ বছরের শিশুর মতো তাঁর এতটুকু লুকোনো নেই! ভিতরে বাইরে নিরন্তর এক ভাব! যা মনে, তা-ই অকপটে মুখে ও কাজে প্রকাশ—অথচ অন্যের যাতে কোনো হানি হতে পারে, তা কখনও বলা নেই—নিজের শারীরিক কষ্ট হলেও তা বলা নেই! এ কি মানুষের পক্ষে সম্ভব?
মথুরের ভক্তিবৃদ্ধি দেখে হালদার পুরোহিত
মথুরানাথের কালীঘাটের হালদার পুরোহিত ঠাকুরের প্রতি মথুরবাবুর অবিচলা ভক্তি দেখে হিংসায় জরজর; ভাবে—‘লোকটা বাবুকে কোনোরকম গুণটুন্ করে এমন বশ করেছে।’ ভাবে—‘তাই তো, বাবুটাকে হাত করবার আমার এতকালের চেষ্টাটা এই লোকটার জন্য সব পণ্ড? আবার সরল বালকের ভান দেখায়। যদি এতই সরল তো বলে দিক ‘বশীকরণের’ ক্রিয়াটা। আমার যত বিদ্যা সব ঝেড়ে ঝুড়ে বাবুটা একটু বাগে আসছিল, এমন সময় এ আপদ কোথা হতে এল?’
এদিকে মথুরের ভক্তিবিশ্বাস যতই বাড়তে লাগল, ততই ‘ঠাকুরের সঙ্গে সদাসর্বক্ষণ কী করে থাকতে পাব, কী করে তাঁর আরও বেশি সেবা করতে পাব’—এই সব চিন্তাই প্রবল হয়ে উঠল। সেজন্য মাঝে মাঝে ঠাকুরকে অনুরোধ-উপরোধ করে কলিকাতায় জানবাজারের বাড়িতে নিজের কাছে এনে রাখতেন; বিকেলে ‘বাবা, চলো বেড়িয়ে আসি’ বলে সঙ্গে করে গড়ের মাঠ প্রভৃতি কলিকাতার নানা জায়গায় বেড়িয়ে নিয়ে আসতেন। ‘বাবাকে কি যাতে-তাতে খেতে দেওয়া চলে?’ —ভেবে সোনা ও রুপোর এক স্যুট নতুন বাসন গড়িয়ে তাতে ঠাকুরকে অন্ন-পানীয় দিতেন; ভালো ভালো কাপড়চোপড়, পোশাক প্রভৃতি পরিয়ে দিতেন, আর বলতেন—‘বাবা, তুমিই তো সকলের (বিষয়ের) মালিক, আমি তোমার দেওয়ান বই তো নই; এই দেখো না, তুমি সোনার থালে, রুপোর বাটি-গেলাসে খাওয়ার পর সেগুলোর দিকে আর না তাকিয়ে ফেলে রেখে চলে গেলে, আর আমি আবার তুমি খাবে বলে সে সব মাজিয়ে ঘষিয়ে তুলে রাখি, চুরি গেল কি না দেখি, ভাঙা-ফুটো হল কি না খবর রাখি, আর এইসব নিয়েই ব্যস্ত থাকি।’
বেনারসী শালের দুর্দশা
এই সময়ের এক জোড়া বেনারসী শালের দুর্দশার কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনেছিলাম। মথুর সেটি হাজার টাকা দামে কিনলেন এবং ‘অমন ভালো জিনিস আর কাকে দেব’ ভেবে নিজের হাতে ঠাকুরের শ্রীঅঙ্গে তা জড়িয়ে দিয়ে মহানন্দ পেলেন। শালজোড়াটি বাস্তবিকই মূল্যবান—কারণ, তার তখনকার (৫০ বছর আগের) দামই যখন অত ছিল, তখন বোধ হয় সেরকম জিনিস এখন আর দেখাই যায় না। শালখানি গায়ে দিয়ে ঠাকুর প্রথমে বালকের মতো মহা আনন্দিত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন, বার বার নিজে সেটি দেখতে লাগলেন, এবং অন্যদের ডেকে দেখিয়ে, মথুরবাবু সেটি এত দরে কিনে দিয়েছেন ইত্যাদি বলতে লাগলেন। কিন্তু পরক্ষণেই বালকের মতো ঠাকুরের মনে অন্য ভাবের উদয় হল! ভাবলেন—“এতে আর আছে কী? কতকগুলো ছাগলের লোম বই তো নয়? যে পঞ্চভূতের বিকারে সকল জিনিস, সেই পঞ্চভূতেই তো এটাও তৈরি হয়েছে; আর শীতনিবারণ—তা লেপ-কম্বলেও যেমন হয়, এতেও তেমনি; অন্যসকল জিনিসের ন্যায় এতেও সচ্চিদানন্দ লাভ হয় না; বরং গায়ে দিলে মনে হয় আমি অপর সকলের চেয়ে বড়, আর অভিমান অহঙ্কার বেড়ে মানুষের মন ঈশ্বর থেকে দূরে গিয়ে পড়ে! এতে এত দোষ!” এই সব কথা ভেবে শালখানি মাটিতে ফেলে—‘এতে সচ্চিদানন্দ লাভ হয় না’, ‘থু, থু’ বলে থুতু দিতে ও ধুলোয় ঘষতে লাগলেন এবং পরিশেষে আগুন জ্বেলে পোড়াবার উপক্রম করলেন! এমন সময় কে একজন সেখানে এসে পড়ে সেটি তাঁর হাত থেকে উদ্ধার করল! মথুরবাবু শালখানির এমন দুর্দশা হয়েছে জেনেও কিছুমাত্র দুঃখিত হননি। বলেছিলেন—‘বাবা বেশ করেছেন!’
ঠাকুরের নির্লিপ্ততা
উপরে লেখা ঘটনাগুলি থেকেই বেশ বোঝা যায়, মথুরবাবু ঠাকুরকে নানা ভোগ-সুখ ও আরামের ভিতর রাখার চেষ্টা করলেও ঠাকুরের মন কত উঁচুতে, কোথায় নিরন্তর থাকত! যেখানেই থাকুন না কেন, এ মন সর্বদা আপন ভাবে বিভোর! অপর সকল মন যেখানে কেবল অন্ধকারের উপর অন্ধকাররাশিই পুঞ্জীকৃত দেখে, সেখানে এ মন দেখে—আলোয় আলো—ছায়াবিহীন হ্রাসবৃদ্ধিরহিত আলো—যে আলোর সামনে চন্দ্র-সূর্য-তারকার উজ্জ্বলতা, বিদ্যুতের চকমকানি, অগ্নির তো ‘কা কথা’—সব মিটমিটে, প্রায় অন্ধকারতুল্য! সেই আলোকময় রাজ্যেই এ মনের নিরন্তর থাকা! আর এই হিংসাদ্বেষকপটতাপূর্ণ কামক্রোধের চির-আবাসভূমি এই রাজ্যে, যেন এ মনের দু-দিনের জন্য করুণায় বেড়াতে আসা, এইটুকুই! অতএব মথুরবাবুর ভোগসুখ-বিলাসিতাপূর্ণ জানবাজারের বাড়িতে থাকলেও, যে ঠাকুর সেই ঠাকুর—নির্লিপ্ত, নিরহংকার, আপন ভাবে নিজেই নিশিদিন মাতোয়ারা!
হালদার পুরোহিতের শেষ কথা
জানবাজারের বাড়িতে সন্ধ্যার প্রাক্কালে ঠাকুর একদিন অর্ধবাহ্য দশায় পড়ে আছেন, কাছে কেউ নেই। ঠাকুরের সমাধি ভাঙছে; অল্পে অল্পে বাহ্যজগতের হুঁশ আসছে। এমন সময় সেই হালদার পুরোহিত এসে হাজির। ঠাকুরকে একা ওই অবস্থায় দেখেই সে ভাবল, এটাই সময়। কাছে গিয়ে এদিক ওদিক তাকিয়ে ঠাকুরের শ্রীঅঙ্গ ঠেলতে ঠেলতে বার বার বলতে লাগল—‘অ বামুন, বল্ না—বাবুটাকে কী করে হাত করলি? কী করে বাগালি, বল না? ঢঙ করে চুপ করে রইলি যে? বল্ না?’ হালদার বার বার এমন বললেও ঠাকুর যখন কিছুই বললেন না বা বলতে পারলেন না—কারণ, ঠাকুরের তখন কথা বলার মতো অবস্থাই ছিল না—তখন সে রেগে গিয়ে ‘যা শালা বললি না’ বলে সজোরে লাথি মেরে অন্যত্র চলে গেল। নিরভিমান ঠাকুর, মথুরবাবু এ কথা জানতে পারলে ক্রোধে ব্রাহ্মণের উপর একটা বিশেষ অত্যাচার করে বসবে বুঝে, চুপ করে রইলেন। পরে—কিছু দিন পরে—অন্য অপরাধে মথুরবাবুর কোপে পড়ে ব্রাহ্মণ বিতাড়িত হলে ঠাকুর একদিন কথায় কথায় মথুরানাথকে সে কথা বললেন। শুনে মথুর ক্রোধে দুঃখে বললেন, “বাবা, এ কথা আমি আগে জানলে বাস্তবিকই ব্রাহ্মণের মাথা থাকত না।”
মথুরানাথ ও তাঁর পত্নী জগদম্বা দাসীর ঠাকুরের উপর ভক্তি ও সেই পরিবারের সঙ্গে ঠাকুরের ব্যবহার
ঠাকুরের গুরুভাবে অপার করুণার কথা সস্ত্রীক মথুরবাবু প্রাণে প্রাণে যে কতখানি অনুভব করতে পেরেছিলেন এবং সাক্ষাৎ দেবতাজ্ঞানে তাঁর কাছে যে কতখানি আত্মসমর্পণ করেছিলেন, তার বিশেষ পরিচয় আমরা পাই এই থেকে যে, ঠাকুরের কাছে তাঁরা দুজনে কোনো কথা গোপন রাখতেন না। দুজনেই জানতেন ও বলতেন, “বাবা মানুষ নন; ওঁর কাছে কথা লুকিয়ে কী করব? উনি সকল জানতে পারেন, পেটের কথা সব টের পান!” তাঁরা দুজনে যে এভাবে কেবল কথার কথা বলতেন, তা নয়—কার্যত সব বিষয়ে ঠিক ঠিক সেইরকমই আচরণ করতেন। বাবাকে নিয়ে দুজনে একসঙ্গে আহার-বিহার করেছেন, কতদিন এক বিছানায় পর্যন্ত শুয়েছেন। বাবা সব সময়ে সর্বাবস্থায় অন্দরে অবাধে যাতায়াত করবেন, তাতে কী? উনি অন্দরে না গেলেই বা কী? —বাড়ির স্ত্রী-পুরুষ সকলের সবরকম মনোভাব যে উনি জানেন, তার পরিচয় তাঁরা অনেক সময় পেয়েছেন। আর স্ত্রীলোকদের সঙ্গে পুরুষের মেলামেশার যে প্রধান অনর্থ—মানসিক বিকার, সে সম্বন্ধে বাবাকে ঘরের দেয়াল বা অন্য কোনো অচেতন পদার্থ বললেও চলে! অন্য কোনো পুরুষকে দেখলে যেমন সংকোচ-লজ্জার ভাব আসে, বাবাকে দেখে অন্দরের কোনো স্ত্রীলোকেরই মনে তো তেমন আসে না। মনে হয় যেন তাঁদেরই একজন, অথবা একটি পাঁচ বছরের ছেলে! কাজেই সখীভাবে ভাবিত ঠাকুর স্ত্রীজনোচিত বেশভূষা পরে ৺দুর্গাপূজার সময়ে অন্দরের স্ত্রীলোকদের সঙ্গে বাইরে এসে প্রতিমাকে চামর-বীজন করছেন, কখনও বা কোনো এক যুবতীর স্বামী এলে সেই যুবতীকে সাজিয়ে-গুছিয়ে বেশভূষা পরিয়ে স্বামীর সঙ্গে কীভাবে কথাবার্তা বলতে হয়, তা কানে কানে শেখাতে শেখাতে শোবার ঘরে স্বামীর পাশে বসিয়ে দিয়ে আসছেন—এমন অনেক কথা ঠাকুরের শ্রীমুখ থেকে জেনে, ঠাকুরের উপর এঁদের কী এক অপূর্ব ভাব ছিল, তা ভেবে আমরা অবাক হয়ে যাই! ঠাকুরের গুরুভাবে এই সব স্ত্রীলোকের মনে তাঁর প্রতি দেবতাজ্ঞান যেমন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি আবার তাঁর অহেতুক ভালোবাসার বিশেষ পরিচয় পেয়ে এঁরা তাঁকে কতখানি নিজের লোকের চেয়েও আপন করে নিতে বাধ্য হয়েছিলেন, কতখানি নিঃসংকোচে তাঁর কাছে ওঠা-বসা ও অন্য সব কাজকর্ম, আচার-আচরণ করতেন, তা আমরা কল্পনাতেও ঠিক ঠিক আনতে পারি না!
ঠাকুরের বিপরীত ভাবের একত্র সমাবেশ
একদিকে মথুরবাবুর বাড়ির স্ত্রীলোকদের সঙ্গে ঠাকুরের যেমন অলৌকিক কামগন্ধহীন স্বার্থমাত্রশূন্য সখীর মতো ভালোবাসার প্রকাশ, অন্যদিকে আবার বাইরে পুরুষদের কাছে, পণ্ডিতমণ্ডলীর মাঝে দিব্যজ্ঞান ও অনুপম বুদ্ধির সঙ্গে আচরণ—এ দুই দেখলে মনে হয়, এই বহু-বিপরীত ভাবের একত্র সম্মিলন তাঁর ভিতরে কীভাবে হয়েছিল? এ বহুরূপী ঠাকুর কে?
দক্ষিণেশ্বরে বিগ্রহমূর্তি ভগ্ন হওয়ায় বিধান নিতে পণ্ডিতসভার আহ্বান
দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়িতে ৺রাধাগোবিন্দের বিগ্রহমূর্তি দুটি তখন প্রতিদিন সকালে পাশের শয়নঘর থেকে মন্দিরের ভিতরে সিংহাসনে এনে বসানো হত এবং পূজা-ভোগ-রাগাদির পর দুপুরে আবার শয়নমন্দিরে বিশ্রামের জন্য রেখে আসা হত। আবার বিকেলে বেলা চারটের পর সেখান থেকে সিংহাসনে আনা হত, এবং সান্ধ্য আরাত্রিক ও ভোগ-রাগাদির পর রাতে ফের রেখে আসা হত। একদিন জল পড়ে মন্দিরের মর্মর পাথরের মেঝে পিছল হওয়ায়, ঠাকুর নিয়ে যাওয়ার সময় পূজক ব্রাহ্মণ পড়ে গিয়ে ৺গোবিন্দজীর মূর্তিটির পা ভেঙে ফেললেন! একেবারে হুলস্থূল পড়ে গেল। পূজারী তো নিজে আঘাত পেয়েছেন, আবার ভয়ে কাঁপছেন! বাবুদের কাছে সংবাদ পৌঁছল। কী হবে? ভাঙা বিগ্রহে তো পূজা চলে না—এখন উপায়? রানী রাসমণি ও মথুরবাবু উপায় স্থির করার জন্য শহরের সব খ্যাতনামা পণ্ডিতকে সসম্ভ্রমে আহ্বান করে সভা করলেন। যে পণ্ডিতেরা কাজের জন্য আসতে পারলেন না, তাঁদেরও মতামত সংগ্রহ করা হতে লাগল। একেবারে হইচই ব্যাপার এবং পণ্ডিতবর্গের সম্মানরক্ষার জন্য বিদায়-আদায়ে টাকারও শ্রাদ্ধ! পণ্ডিতেরা পাঁজি-পুঁথি খুলে বার বার বুদ্ধির গোড়ায় নস্য দিয়ে বিধান দিলেন—‘ভগ্ন মূর্তিটি গঙ্গার জলে ফেলে দেওয়া হোক এবং তার জায়গায় অন্য নতুন মূর্তি স্থাপিত হোক।’ কারিগরকে মূর্তি গড়ার আদেশ দেওয়া হল।
ঠাকুরের মীমাংসা ও এ বিষয়ের শেষ কথা
সভা ভাঙার সময় মথুরবাবু রানীমাতাকে “ছোট ভট্টাচার্য মহাশয়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা তো হয়নি? তিনি কী বলেন জানতে হবে”—বলে ঠাকুরকে এ নিয়ে মতামত জিজ্ঞাসা করলেন! ঠাকুর ভাবমুখে বলতে লাগলেন, “রানীর জামাইদের কেউ যদি পড়ে পা ভেঙে ফেলত, তবে কি তাকে ত্যাগ করে আর একজনকে তার জায়গায় এনে বসানো হতো—না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো? এখানেও সেই রকম করা হোক—মূর্তিটি জুড়ে যেমন পূজা হচ্ছে তেমন পূজা করা হোক। ত্যাগ করতে হবে কিসের জন্য?” সকলে ব্যবস্থা শুনে অবাক! তাই তো, কারও মাথায় তো এ সহজ যুক্তিটি আসেনি? মূর্তিটিকে যদি ৺গোবিন্দজীর দিব্য আবির্ভাবে জীবন্ত বলে স্বীকার করতে হয়, তবে সে আবির্ভাব তো ভক্তের হৃদয়ের গভীর ভক্তি-ভালোবাসা-সাপেক্ষ, ভক্তের প্রতি কৃপা বা করুণায় হয়; হৃদয়ে শ্রদ্ধা-ভক্তি-ভালোবাসা থাকলে সে আবির্ভাব ভগ্ন মূর্তিতেই বা হতে পারবে না কেন? মূর্তিভঙ্গের দোষাদোষ তো আর সে আবির্ভাবকে স্পর্শ করতে পারে না! তারপর, যে মূর্তিটিতে শ্রীভগবানের এতকাল পূজা করে হৃদয়ের ভালোবাসা দিয়ে এসেছি, আজ তার কোনো অঙ্গের হানি হয়েছে বলে যথার্থ ভক্তের হৃদয়ে কি সঙ্গে সঙ্গে ভালোবাসারও হানি হতে পারে? আবার বৈষ্ণবাচার্যেরা ভক্তকে ঠাকুরের আত্মবৎ সেবা করতেই উপদেশ দেন। নিজে যখন যে অবস্থায় যা করতে ভালোবাসি, ঠাকুরও তা-ই ভালোবাসেন ভেবে সেইরকম করতেই বলেন। সে দিক থেকেও মূর্তিটি ত্যাগ করার ব্যবস্থা হতে পারে না। অতএব ভগ্ন মূর্তিতে পূজাদি করবে না বলে স্মৃতিতে যে বিধান আছে, তা নিশ্চয়ই প্রেমহীন, ভক্তিপথে সবে মাত্র অগ্রসর ভক্তের জন্যই। যা হোক, অভিমানী পণ্ডিতবর্গের মধ্যে ঠাকুরের মীমাংসার সঙ্গে কারও কারও মতভেদ হল, কেউ বা আবার মতভেদ প্রকাশ করলে বিদায়-আদায়ে ত্রুটি হওয়ার সম্ভাবনা ভেবে নিজের মত পরিষ্কার করে বললেন না! আর যাঁরা পাণ্ডিত্যের সাহায্যে একটু যথার্থ জ্ঞান-ভক্তি লাভ করতে পেরেছিলেন, তাঁরা ঠাকুরের এই মীমাংসা শুনে ধন্য ধন্য করতে লাগলেন। পরে ঠাকুর স্বহস্তে মূর্তিটি জুড়ে দিলেন এবং বিগ্রহের পূজাদি আগের মতো চলতে লাগল। কারিগর একটি নতুন মূর্তি গড়ে আনলে সেটি ৺গোবিন্দজীর মন্দিরের ভিতরে এক পাশে রেখে দেওয়া হল মাত্র, তার প্রতিষ্ঠা আর করা হল না। রানী রাসমণি ও মথুরবাবু পরলোকগমন করলে তাঁদের বংশধরদের কেউ কেউ কখনও কখনও ওই নতুন মূর্তির প্রতিষ্ঠার আয়োজন করেছিলেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো সাংসারিক বিঘ্ন দেখা দেওয়ায় সে কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন। কাজেই ৺গোবিন্দজীর নতুন মূর্তিটি এখনও সেইভাবেই রাখা আছে।
[1] নিম্নলিখিত গল্পটি থেকে প্রচলিত উক্তিটির উৎপত্তি হয়েছে। গল্পটি এই – এক বৈরাগী সাধু বহুকাল ধরে তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াতেন। সঙ্গের সাথী – তসলা, লোটা প্রভৃতি দরকারি জিনিসগুলির মোটটি নিজেই বইতেন। একদিন সাধুর মনে হল, একটা ঘোড়া পাই তো মোটটি আর নিজে বয়ে কষ্ট পাই না। ভেবেই ‘এক ঘোড়া, দেলায় দে রাম’ বলে চিৎকার করে ঘোড়া-ভিক্ষার চেষ্টায় ঘুরতে লাগলেন। তখন সেই জায়গা দিয়ে রাজার পল্টন যাচ্ছিল। পথে একটি ঘোটকীর শাবক হওয়ায় তার আরোহী ভাবতে লাগল, “তাইতো, পল্টন এখনই এ জায়গা থেকে অন্যত্র কুচ করবে, ঘোটকী হেঁটে যেতে পারবে, কিন্তু সদ্যোজাত শাবকটি কেমন করে নিয়ে যাই?” ভেবেচিন্তে শাবকটিকে বইবার জন্য একটি লোকের খোঁজে বেরিয়েই ‘ঘোড়া দেলায় দে রাম’-সাধুর সঙ্গে দেখা হল, এবং সাধুকে বলিষ্ঠ দেখে সে কোনো বিচার না করে একেবারে জোর করে তাঁকে দিয়ে শাবকটি বইয়ে নিয়ে চলল। সাধু তখন ফাঁপরে পড়ে বলতে লাগলেন – ‘উলটা বুঝিলু রাম!’ কোথায় ঘোড়া তাঁর মোটটি ও তাঁকে বইবে, না, তাঁকে ঘোটকী-শাবক বইতে হল!
[2] বেদান্তসূত্র, ৩য় অধ্যায়, ৩য় পাদ, ২৬ সূত্রের শাঙ্করভাষ্যে এরকম লেখা আছে – “তথা শাট্যায়েনিনঃ পঠন্তি – ‘তস্য পুত্রা দায়মুপযন্তি সুহৃদঃ সাধুকৃত্যাং দ্বিষন্তঃ পাপকৃত্যাম্’ ইতি। তথৈব কৌষীতকিনঃ – ‘তৎ সুকৃতদুষ্কৃতে বিষুনুতে তস্য প্রিয়া জ্ঞাতয়ঃ সুকৃতমুপযন্ত্যপ্রিয়া দুষ্কৃতম্’ ইতি।”
পরবর্তী ভাষ্যেও এ বিষয়ের উল্লেখ আছে।
অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিতঃ।
অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ॥
– গীতা, ১০।২০
জানবাজারে মথুরের বাড়িতে ঠাকুরকে নিয়ে ৺দুর্গোৎসবের কথা
এ বছর মথুরানাথের জানবাজারের বাড়িতে ৺দুর্গোৎসবে বিশেষ আনন্দ। কারণ, শ্রীশ্রীজগদম্বার পূজায় বছরে বছরে আবালবৃদ্ধবনিতার যে একটা অনির্বচনীয় আনন্দ, তা তো আছেই, তার উপর ‘বাবা’ আবার কয়েক দিন ধরে মথুরের বাড়ি পবিত্র করে সেই আনন্দ সহস্রগুণে বাড়িয়ে দিয়েছেন। কাজেই আনন্দের আর পরিসীমা নেই। মা-র কাছে বালক যেমন আনন্দে আটখানা হয়ে নির্ভয়ে আবদার, অনুরোধ ও হেতুরহিত হাস্য-নৃত্যাদি করে, নিরন্তর ভাবাবেশে প্রতিমাতে জগন্মাতার সাক্ষাৎ আবির্ভাব প্রত্যক্ষ করে ‘বাবা’ও তেমনই অপূর্ব আচরণ করছেন, আর তাতে প্রতিমা বাস্তবিকই জীবন্ত জ্যোতির্ময়ী হয়ে যেন হাসছেন! আর সেই প্রতিমাতে মা-র আবেশ ও ঠাকুরের দেবদুর্লভ শরীর-মনে মা-র আবেশ একত্র সম্মিলিত হওয়ায় পূজার দালানের বায়ুমণ্ডল যে কী একটা অনির্বচনীয়, অনির্দেশ্য সাত্ত্বিক ভাবপ্রকাশে পূর্ণ, অতি জড়মনও তা অনুভব করছে! দালান জম জম করছে—উজ্জ্বল হয়ে উঠেছে! আর বাড়ির সর্বত্র যেন সেই অদ্ভুত প্রকাশে অপূর্ব শ্রী ধারণ করেছে!
হবারই কথা। ধনী মথুরের রাজসিক ভক্তি যেমন ঘর-দরজা ও মা-র প্রতিমা বিচিত্র সাজে সাজাতে, পত্র পুষ্প ফল মূল মিষ্টান্নাদি পূজার দ্রব্যসম্ভারের অপর্যাপ্ত আয়োজনে এবং নহবতাদি বাদ্যভাণ্ডের বাহুল্যে মনোনিবেশ করে বাইরের কিছুরই ত্রুটি রাখেনি, তেমনই আবার এই অদ্ভুত ঠাকুরের অলৌকিক দেবভাব বাইরের ওই জড় জিনিসগুলিকে স্পর্শ করে সেগুলির ভিতর সত্যি সত্যিই একটা প্রাণপ্রতিষ্ঠা করে দিয়েছে! কাজেই তুষারমণ্ডিত হিমালয়বক্ষে চিরশ্যামল দেবদারুকুঞ্জের গম্ভীর সৌন্দর্যে সাধু-তপস্বীর গৈরিক বসন যে শান্তিময় শোভা আনে, সুন্দরী রমণীর কোলে স্তন্যপায়ী সুন্দর শিশু যে করুণামাখা সৌন্দর্য বিস্তার করে, সুন্দর মুখে পবিত্র মনোভাব যে অপূর্ব প্রকাশ এনে দেয়, মথুরবাবুর মহাভাগ্যোদয়ে তাঁর ভবনে আজ সেই সৌন্দর্যের বিচিত্র সমাবেশ! পূজাসংক্রান্ত নানা কাজের সুবন্দোবস্তে নিরন্তর ব্যস্ত থাকলেও বাবু ও তাঁর গৃহিণী যে এই ভাবসৌন্দর্য প্রাণে প্রাণে অনুভব করে এক অব্যক্ত আনন্দে পূর্ণ হচ্ছিলেন, এ কথা আর বলতে হবে না।
দিনের পূজা শেষ হল। তাঁরাও কোনোরকমে একটু সময় করে ‘বাবার’ ও জগন্মাতার শ্রীচরণে মহানন্দে পুষ্পাঞ্জলি দিলেন।
ঠাকুরের ভাবসমাধি ও রূপ
সন্ধ্যা হয়ে এসেছে। এইবার শ্রীশ্রীজগন্মাতার আরাত্রিক হবে। ‘বাবা’ এখন অন্দরে বিচিত্র ভাবে আবিষ্ট হয়ে তাঁর পুরুষ-শরীরের কথা একেবারে ভুলে গেছেন! কথায়, আচরণে কেবলই প্রকাশ পাচ্ছে—যেন তিনি জন্মে জন্মে যুগে যুগে শ্রীশ্রীজগন্মাতার দাসী বা সখী। জগদম্বাই তাঁর প্রাণ-মন, সর্বস্বের সর্বস্ব; মা-র সেবার জন্যই তাঁর দেহ ও জীবনধারণ। ঠাকুরের মুখমণ্ডল ভাবে প্রেমে সমুজ্জ্বল, অধরে মৃদু মৃদু হাসি, চোখের চাহনি, হাত-পা নাড়া, অঙ্গভঙ্গি প্রভৃতি সমস্তই স্ত্রীলোকদের মতো! ঠাকুরের পরনে মথুরবাবুর দেওয়া সুন্দর গরদের চেলি—স্ত্রীলোকদের মতো করে পরেছেন—কে বলবে যে, তিনি পুরুষ! ঠাকুরের রূপ তখন বাস্তবিকই যেন ফেটে পড়ত—এমন সুন্দর রং ছিল; ভাবাবেশে সেই রং আরও উজ্জ্বল হয়ে উঠত, শরীর দিয়ে যেন একটা জ্যোতি বেরোত! সে রূপ দেখে লোকে চোখ ফিরিয়ে নিতে পারত না, অবাক হয়ে চেয়ে থাকত! শ্রীশ্রীমা-র মুখে শুনেছি, ঠাকুর শ্রীঅঙ্গে যে স্বর্ণ-ইষ্ট-কবচখানি তখন সর্বদা ধারণ করতেন, তার সোনার রঙে ও গায়ের রঙে যেন মেশামেশি হয়ে এক হয়ে যেত! ঠাকুরের নিজ মুখেও শুনেছি—“তখন তখন এমন রূপ হয়েছিল রে যে, লোকে চেয়ে থাকত; বুক মুখ সব সময় লাল হয়ে থাকত, আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরুত! লোকে চেয়ে থাকত বলে একখানা মোটা চাদর সর্বক্ষণ মুড়ি দিয়ে থাকতুম, আর মাকে বলতুম, ‘মা, তোর বাহিরের রূপ তুই নে, আমাকে ভিতরের রূপ দে’, গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলতুম, ‘ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা’; তবে কতদিন পরে ওপরটা এই রকম মলিন হয়ে গেল।”
কামারপুকুরে ঠাকুরের রূপ-গুণে জনতার কথা
রূপের কথায় ঠাকুরের জীবনের আর একটি ঘটনা এখানে মনে আসছে। এই সময়ে প্রতি বছর বর্ষাকালে ঠাকুর তিন-চার মাস জন্মভূমি কামারপুকুরে কাটিয়ে আসতেন। কামারপুকুরে থাকার সময় মাঝে মাঝে শিওড় গ্রামে ভাগনে হৃদয়ের বাড়িতেও যেতেন। ঠাকুরের শ্বশুরবাড়ি জয়রামবাটী গ্রামের ভিতর দিয়ে শিওড়ে যাওয়ার পথ। সেখানকার লোকেরাও উপরোধ-অনুরোধ করে এই সুযোগে ঠাকুরকে সেখানে কয়েক দিন রেখে দিতেন। ঠাকুরের পরম অনুগত ভক্ত ভাগনে হৃদয় তখন সর্বদা ঠাকুরের সঙ্গে থেকে তাঁর সবরকম সেবা করতেন।
কামারপুকুরে থাকার সময় ঠাকুরকে দেখার ও তাঁর মুখের দুটো কথা শোনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের স্ত্রী-পুরুষের ভিড় লেগেই থাকত। ভোরেই প্রতিবেশী স্ত্রীলোকেরা বাড়ির পাট-ঝাঁট সেরে, স্নান করে জল আনবেন বলে কাঁখে কলসি নিয়ে আসতেন, আর কলসিগুলি ঠাকুরের বাড়ির কাছে হালদারপুকুরের পাড়ে রেখে চাটুয্যেদের বাড়িতে এসে বসতেন; এবং ঠাকুরের বাড়ির মেয়েদের ও ঠাকুরের সঙ্গে কথাবার্তায় এক-আধ ঘণ্টা কাটিয়ে পরে স্নানে যেতেন। এমন রোজই হত। এই সুযোগে আবার কেউ কেউ, রাতে বাড়িতে কোনো ভালোমন্দ মিষ্টান্নাদি তৈরি হলে, তার অগ্রভাগ তুলে রাখতেন এবং তা এনে ঠাকুরকে দিয়ে যেতেন। এঁরা রাত ভোর হতে না হতে এসে উপস্থিত হন দেখে রঙ্গরসপ্রিয় ঠাকুর কখনও কখনও রঙ্গ করে বলতেন—“শ্রীবৃন্দাবনে নানাভাবে নানা সময়ে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের মিলন হতো—পুলিনে জল আনতে গিয়ে গোষ্ঠ-মিলন, সন্ধ্যাবেলা ঠাকুর যখন গরু চরিয়ে ফিরতেন তখন গোধূলি-মিলন, তারপর রাত্রে রাসে মিলন—এই রকম, এই রকম সব আছে। তা, হাঁগা, এটা কি তোদের স্নানের সময়ের মিলন নাকি?” তাঁরা ঠাকুরের কথা শুনে হেসে গড়াগড়ি দিতেন। মেয়েরা দিনের রান্নাবান্না করতে চলে যাওয়ার পর পাড়ার পুরুষেরা ঠাকুরের কাছে এসে যার যতক্ষণ ইচ্ছা বসে কথাবার্তা বলত। বিকেলে আবার স্ত্রীলোকেরা আসত এবং সন্ধ্যার পর রাতে আবার পুরুষদের কেউ কেউ এসে উপস্থিত হত। আর দূর-দূরান্তর থেকে যে-সব স্ত্রী-পুরুষ আসত, তারা প্রায়ই বিকেলে এসে সন্ধ্যার আগেই চলে যেত। এভাবে সারা দিন রথ-দোলের ভিড় লেগে থাকত।
ঠাকুরের রূপ নিয়ে ঘটনা ও তাঁর দীনভাব
একবার কামারপুকুর থেকে সেইরকমই জয়রামবাটী ও শিওড় যাওয়ার বন্দোবস্ত হয়েছে। অনুক্ষণ ভাবসমাধিতে থাকায় ঠাকুরের শরীর বালক বা স্ত্রীলোকের মতো সুকোমল হয়ে গিয়েছিল। অল্প দূর হলেও পালকি, গাড়ি ছাড়া যেতে পারতেন না। সেজন্য জয়রামবাটী হয়ে শিওড় যেতে পালকি আনা হয়েছে। হৃদয় সঙ্গে যাওয়ার জন্য তৈরি। ঠাকুর আহারের পর পান খেতে খেতে লাল চেলি পরে, হাতে সোনার ইষ্ট-কবচ ধারণ করে পালকিতে উঠতে এলেন। দেখলেন, রাস্তায় পালকির কাছে ভিড় লেগে গেছে; চারদিকে স্ত্রী-পুরুষ দাঁড়িয়ে আছে! দেখে আশ্চর্য হয়ে হৃদয়কে জিজ্ঞাসা করলেন—“হৃদু, এত ভিড় কিসের রে?”
হৃদয়— কিসের আর? এই তুমি আজ ওখানে যাবে, (লোকদের দেখিয়ে) এরা এখন আর তোমাকে কিছুদিন দেখতে পাবে না, তাই সব তোমায় দেখতে এসেছে।
ঠাকুর— আমাকে তো রোজ দেখে; আজ আবার কী নূতন দেখবে?
হৃদয়— এই চেলি পরে সাজলে গুজলে, পান খেয়ে তোমার ঠোঁট দুখানি লাল টুকটুকে হলে খুব সুন্দর দেখায়; তাই সব দেখবে আর কী?
এরা তাঁর সুন্দর রূপে আকৃষ্ট—এ কথা শুনেই ঠাকুরের মন এক অপূর্ব ভাবে পূর্ণ হল। ভাবলেন—হায় হায়! এরা সব এই দুই দিনের বাইরের রূপটা নিয়েই ব্যস্ত, ভিতরে যিনি রয়েছেন, তাঁকে কেউ দেখতে চায় না!
রূপে বিতৃষ্ণা তো তাঁর আগে থেকেই ছিল; এই ঘটনায় তা আরও সহস্রগুণে বেড়ে গেল। বললেন –
“কী? একটা মানুষকে মানুষ দেখবার জন্য এত ভিড় করবে? যাঃ, আমি কোথাও যাব না। যেখানে যাব, সেইখানেই তো লোকে এই রকম ভিড় করবে?” —বলেই বাড়ির ভিতরে নিজের ঘরে গিয়ে ঠাকুর কাপড়-চোপড় সব খুলে ক্ষোভে দুঃখে চুপ করে বসে রইলেন। দীনভাবে পূর্ণ ঠাকুর সেদিন সত্যিই জয়রামবাটী ও শিওড়ে গেলেন না। হৃদয় ও বাড়ির সকলে কতভাবে বোঝাল, সবই ভেসে গেল। নিজের শরীরটার উপর এই অলৌকিক পুরুষের যে কী তুচ্ছ, হেয় বুদ্ধি ছিল, তা একবার হে পাঠক, ভেবে দেখো! আর ভাবো আমাদের কথা, কী রূপ রূপ করে পাগল! —কী মাজা-ঘষা, আরশি, চিরুনি, ক্ষুর, ভাঁড়, বেসন, সাবান, এসেন্স, পোমেডের ছড়াছড়ি! আর পাশ্চাত্যের অনুকরণে ‘হাড়মাসের খাঁচাটার’ উপর নিত্য ভ্রমের বাড়াবাড়ি করে একেবারে উৎসন্ন যাওয়ার হুড়োহুড়ি! পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ পবিত্রভাবে পূর্ণ থাকা, আর এটা—দুই কি এক কথা হে বাপু? যাক, আমরা জানবাজারের আগের কথাতেই ফিরে যাই।
ঠাকুরের সমাধি ভাঙাতে জগদম্বা দাসীর কৌশল
জগদম্বার আরাত্রিক আরম্ভ হয় হয়, ঠাকুরের কিন্তু সে ভাব আর ভাঙে না! মথুরবাবুর পত্নী শ্রীমতী জগদম্বা দাসী ঠাকুরকে কোনোরকমে প্রকৃতিস্থ করে বাড়ির স্ত্রীলোকদের সঙ্গে আরতি দেখতে যাবেন মনে করেছিলেন, কিন্তু ঠাকুরের এই ভাবাবেশের বিরাম নেই দেখে, এবং তাঁকে একা ফেলে যাওয়াটাও যুক্তিসংগত নয় ভেবে, কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। ভাবলেন—করি কী? আমি যাকেই রেখে চলে যাব, একবার আরতির বাজনা বেজে উঠলেই সে নিশ্চয়ই সেখানে ঊর্ধ্বশ্বাসে ছুটবে। আর ‘বাবা’ও তো ভাবে বিহ্বল হলে নিজেকে নিজে সামলাতে পারেন না। একবার তো এমনই বাহ্যজ্ঞানশূন্য অবস্থায় গুলের আগুনের উপর পড়ে গিয়েও হুঁশ হয়নি—পরে সে ঘা কতদিনে কত চিকিৎসায় সেরেছে। একা রেখে গেলে এই আনন্দের দিনে পাছে ওরকম একটা বিভ্রাট হয়—তখন উপায়? কর্তাই বা কী বলবেন? এরকম নানা চিন্তা করতে করতে হঠাৎ তাঁর মনে একটা উপায় এসে জুটল। তাড়াতাড়ি নিজের বহুমূল্য গহনাগুলি বের করে বাবাকে পরাতে পরাতে তাঁর কানের গোড়ায় বার বার বলতে লাগলেন, ‘বাবা, চলো; মার যে আরতি হবে, মাকে চামর করবে না?’
ঠাকুরের সমাধি থেকে সাধারণ অবস্থায় নামার প্রকার শাস্ত্রসম্মত
ভাবাবেশে ঠাকুর যতই বাহ্যজ্ঞানশূন্য হোন না কেন, যে মূর্তি ও ভাবে তাঁর মন সমাধিস্থ হয়েছে, তা ছাড়া অপর সকল বস্তু, ব্যক্তি ও ভাব-সম্বন্ধ থেকে তাঁর মন যতই দূরে গিয়ে পড়ুক না কেন, এটা কিন্তু সব সময়েই দেখা গেছে যে, সেই মূর্তির নাম বা সেই মূর্তির ভাবের অনুকূল কথা কয়েকবার ঠাকুরের কানের কাছে বললেই, তখনই তাঁর মন তাতে আকৃষ্ট হত এবং তা ধরতে-বুঝতে সক্ষম হত। একাগ্রচিত্তের নিয়ম ও আচরণ যে এমনই হয়, তা মহামুনি পতঞ্জলি প্রভৃতির যোগশাস্ত্রে সবিস্তারে না হোক, সাধারণভাবে লিপিবদ্ধ আছে। অতএব ঠাকুরের মনের এমন আচরণের কথা বুঝতে শাস্ত্রজ্ঞ পাঠকের বিলম্ব হবে না। আর বহু পুণ্যফলে যাঁরা কিছুমাত্রও চিত্তের একাগ্রতা জীবনে লাভ বা অনুভব করেছেন, তাঁরা আরও সহজে এ কথা বুঝতে পারবেন। অতএব আমরা প্রকৃত ঘটনাতেই ফিরে যাই।
সখীভাবে ঠাকুরের ৺দুর্গাদেবীকে চামর করা
মথুরবাবুর পত্নীর কথা ঠাকুরের কানে প্রবেশ করল। অমনি তিনি অনেকটা প্রকৃতিস্থ হলেন এবং অর্ধ-বাহ্যদশায় আনন্দে উৎফুল্ল হয়ে তাঁর সঙ্গে চললেন। তাঁরা ঠাকুর-দালানে পৌঁছতেই আরতি আরম্ভ হল। ঠাকুরও স্ত্রীগণ-পরিবৃত হয়ে চামরহস্তে প্রতিমাকে বীজন করতে লাগলেন। দালানের এক দিকে স্ত্রীলোকেরা এবং অন্য দিকে মথুরবাবু-প্রমুখ পুরুষেরা দাঁড়িয়ে শ্রীশ্রীজগদম্বার আরতি দেখতে লাগলেন। সহসা স্ত্রীলোকদের দিকে চোখ পড়তেই মথুরবাবু দেখলেন, তাঁর পত্নীর পাশে বিচিত্র বস্ত্রভূষণে অদৃষ্টপূর্ব সৌন্দর্য বিস্তার করতে করতে কে দাঁড়িয়ে চামর করছেন! বার বার দেখেও যখন বুঝতে পারলেন না তিনি কে, তখন ভাবলেন, হয়তো তাঁর পত্নীর পরিচিতা কোনো সংগতিপন্ন লোকের গৃহিণী নিমন্ত্রিত হয়ে এসেছেন।
আরতি সাঙ্গ হল। অন্তঃপুরবাসিনীরা শ্রীশ্রীজগদম্বাকে প্রণাম করে তাঁদের নির্দিষ্ট জায়গায় চলে গেলেন ও নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ঠাকুরও সেই অর্ধবাহ্য অবস্থায় মথুরবাবুর পত্নীর সঙ্গে ভিতরে গেলেন এবং ক্রমে সম্পূর্ণ সাধারণ অবস্থায় প্রকৃতিস্থ হয়ে গয়নাগাটি খুলে রেখে বাইরে পুরুষদের কাছে এসে বসলেন, আর নানা ধর্মপ্রসঙ্গ তুলে দৃষ্টান্তের সাহায্যে সকলকে সরলভাবে বুঝিয়ে চিত্তহরণ করতে লাগলেন।
মথুরের তাঁকে সেই অবস্থায় চিনতে না পেরে জিজ্ঞাসা
কিছুক্ষণ পরে মথুরবাবু অন্য কাজে অন্দরে গিয়ে কথায় কথায় তাঁর পত্নীকে জিজ্ঞাসা করলেন, “আরতির সময় তোমার পাশে দাঁড়িয়ে কে চামর করছিলেন?” মথুরবাবুর পত্নী তা শুনে হেসে বললেন, “তুমি চিনতে পারোনি? বাবা ভাবাবস্থায় ওইভাবে চামর করছিলেন। তা হতেই পারে, মেয়েদের মতো কাপড়-চোপড় পরলে বাবাকে পুরুষ বলে মনে হয় না।” এই বলে মথুরবাবুকে আদ্যোপান্ত সমস্ত ঘটনা খুলে বললেন। মথুরবাবু একেবারে অবাক হয়ে বললেন, “তাইতো বলি—সামান্য বিষয়েও না ধরা দিলে বাবাকে চেনে কার সাধ্য? দেখ না, চব্বিশ ঘণ্টা দেখে ও একত্র থেকেও আজ তাঁকে চিনতে পারলুম না।”
বিজয়া দশমী
সপ্তমী, অষ্টমী ও নবমী পরমানন্দে কেটে গেছে। আজ বিজয়া দশমীর সকাল। পুরোহিত তাড়াতাড়ি শ্রীশ্রীজগদম্বার সংক্ষিপ্ত পূজা সেরে নিচ্ছে, কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে দর্পণ-বিসর্জন করতে হবে। পরে সন্ধ্যার পর প্রতিমাবিসর্জন। মথুরবাবুর বাড়ির সকলেরই মনে যেন একটা বিষাদের ছায়া—কিসের যেন একটা অব্যক্ত অপরিস্ফুট অভাব—যেন হৃদয়ের অতি প্রিয় বস্তু বা ব্যক্তির সঙ্গে একটা অপরিহার্য আশু বিচ্ছেদাশঙ্কা! পৃথিবীর অতি বিশুদ্ধ আনন্দের পিছনেও এমন একটা বিষাদছায়া সর্বদা সংলগ্ন হয়ে আছে। এই নিয়মের বশেই বোধ হয় অতি বড় ঈশ্বর-প্রেমিকের জীবনেও সময়ে সময়ে অসহ্য ঈশ্বরবিরহের সন্তাপ দেখা দেয়। আর আমরা কঠিন মানুষ, আমাদের হৃদয়ও বিজয়ার দিনে প্রতিমাবিসর্জন দিতে গিয়ে উষ্ণ অশ্রু বর্ষণ করে! মথুর-পত্নীর তো কথাই নেই—আজ সকাল থেকে হাতে কাজ করতে করতে তাঁকে অনেকবার আঁচলে অশ্রু মুছে চোখ পরিষ্কার করে নিতে হচ্ছে।
মথুরের আনন্দে সে বিষয়ে হুঁশ না থাকা
বাইরে মথুরবাবুর কিন্তু আজকের কথা এখনও খেয়াল হয়নি। তিনি আগের মতোই আনন্দে উৎফুল্ল! শ্রীশ্রীজগদম্বাকে বাড়িতে এনে এবং ‘বাবা’র অলোকসামান্য সঙ্গ ও অচিন্ত্য কৃপাবলে তিনি আনন্দে আত্মহারা হয়ে আপনাতে আপনি ভরপুর হয়ে আছেন। বাইরে কী হবে না হবে, তা এখন খোঁজে কে? খোঁজার দরকারই বা কী? মাকে ও বাবাকে নিয়ে এভাবেই দিন কাটবে। এমন সময় পুরোহিতের কাছ থেকে সংবাদ এল—এইবার মা-র বিসর্জন হবে, বাবুকে নিচে এসে মাকে প্রণাম-বন্দনাদি করে যেতে বল।
দেবীমূর্তি-বিসর্জন দেবে না বলে মথুরের সংকল্প
কথাটা মথুরবাবু প্রথমে বুঝতেই পারলেন না। আবার জিজ্ঞাসা করে যখন বুঝতে পারলেন, তখন তাঁর হুঁশ হল—আজ বিজয়া দশমী! আর সেই বোধের সঙ্গে সঙ্গে হৃদয়ে এক বিষম আঘাত পেলেন। শোকে দুঃখে পূর্ণ হয়ে ভাবতে লাগলেন, “আজ মাকে বিসর্জন দিতে হবে—কেন? বাবা ও মা-র কৃপায় আমার তো কিছুরই অভাব নেই। মনের আনন্দের যেটুকু অভাব ছিল, তা তো বাড়িতে মা-র শুভাগমনে পূর্ণ হয়েছে। তবে আবার কেন মাকে বিসর্জন দিয়ে বিষাদ ডেকে আনি? না, এ আনন্দের হাট আমি ভাঙতে পারব না। মা-র বিসর্জন, মনে হলেও যেন প্রাণ কেমন করে ওঠে!” এমন নানা কথা ভাবতে ও চোখের জল ফেলতে লাগলেন।
এদিকে সময় পেরিয়ে যায়। পুরোহিত লোকের উপর লোক পাঠাচ্ছেন, বাবু একবার এসে দাঁড়ান, মা-র বিসর্জন হবে। মথুর বিষম বিরক্ত হয়ে বলে পাঠালেন, “আমি মাকে বিসর্জন দিতে দেব না। যেমন পূজা হচ্ছে, তেমনই পূজা হবে। আমার অমতে যদি কেউ বিসর্জন দেয় তো বিষম বিভ্রাট হবে—খুনোখুনি পর্যন্ত হতে পারে।” এই বলে মথুরবাবু গম্ভীরভাবে বসে রইলেন। ভৃত্য বাবুর এমন ভাবান্তর দেখে সভয়ে সরে দাঁড়াল এবং পূজার দালানে গিয়ে সব কথা পুরোহিত মহাশয়কে জানাল। সকলে অবাক!
সকলে বোঝালেও মথুরের উত্তর
তখন সকলে পরামর্শ করে বাড়ির ভিতরে যাঁদের বাবু সম্মান করতেন, তাঁদের বোঝাতে পাঠালেন। তাঁরাও গেলেন, বোঝালেন, কিন্তু বাবুর সেই ভাবান্তর দূর করতে পারলেন না। বাবু তাঁদের কথায় কর্ণপাত না করে বললেন, “কেন? আমি মা-র নিত্যপূজা করব। মা-র কৃপায় আমার যখন সে ক্ষমতা আছে, তখন কেন বিসর্জন দেব?” কাজেই তাঁরা আর কী করেন, বিমর্ষভাবে ফিরে এসে সিদ্ধান্ত করলেন—মাথা খারাপ হয়েছে! কিন্তু এমন সিদ্ধান্ত করলেই বা উপায় কী? হঠকারী মথুরকে বাড়ির সকলেরই ভালোরকম জানা ছিল! সকলেই জানত, ক্রুদ্ধ হলে বাবুর দিক-বিদিক-জ্ঞান থাকে না। কাজেই তাঁর অমতে দেবীর বিসর্জনের হুকুম দিয়ে কে তাঁর কোপে পড়বে বলো? এ কাজে কেউই এগোলেন না। গিন্নির কাছে অতিরঞ্জিত হয়ে সংবাদ পৌঁছল; তিনি ভয়ে ডরে অভিভূত হয়ে ঠাকুরকে বুঝিয়ে বলতে অনুরোধ করলেন; কারণ, ‘বাবা’ ছাড়া তাঁদের বিপদ থেকে উদ্ধার করার আর কে আছে? —বাবুর যদি বাস্তবিকই মাথা খারাপ হয়ে থাকে!
ঠাকুরের মথুরকে বোঝানো
ঠাকুর গিয়েই দেখলেন, মথুরের মুখ গম্ভীর, রক্তবর্ণ, দুই চোখ লাল, আর তিনি কেমন যেন উন্মনা হয়ে ঘরের ভিতর ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে দেখেই মথুর কাছে এলেন এবং বললেন, “বাবা, যে যা-ই বলুক, আমি মাকে প্রাণ থাকতে বিসর্জন দিতে পারব না। বলে দিয়েছি, নিত্যপূজা করব। মাকে ছেড়ে কেমন করে থাকব?”
ঠাকুর তাঁর বুকে হাত বুলোতে বুলোতে বললেন, “ওঃ—এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে? এ তিন দিন বাইরে দালানে বসে তোমার পূজা নিয়েছেন, আজ থেকে তোমার আরও নিকটে থেকে—সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন।”
ঠাকুরের কথা ও স্পর্শের অদ্ভুত শক্তি
কী এক অদ্ভুত মোহিনী শক্তিই যে ঠাকুরের স্পর্শে ও কথায় ছিল, তা বলে বোঝানো কঠিন! দেখা গেছে, অনেক সময় কেউ এসে তাঁর সঙ্গে কোনো বিষয়ে বিরুদ্ধ মত অবলম্বন করে খুব তর্ক করছে—তাঁর সিদ্ধান্ত কিছুতেই নিচ্ছে না, ঠাকুর তখন কৌশলে কোনোরকমে তার অঙ্গস্পর্শ করে দিতেন; আর অমনি তখন থেকে তার মনের স্রোত যেন ফিরে যেত এবং সেই লোকটি কথাটা গুটিয়ে ফেলত—ঠাকুরের কথা বা সিদ্ধান্ত সম্পূর্ণ মেনে নিয়ে! এ নিয়ে তিনি আমাদের কারও কারও কাছে বলেওছেন—“কথা কইতে কইতে অমন করে ছুঁয়ে দি কেন জানিস? যে শক্তিতে ওদের অমন গোঁ-টা থাকে, সেইটের জোর কমে গিয়ে ঠিক ঠিক সত্য বুঝতে পারবে বলে।” এভাবে স্পর্শমাত্রেই, অপরের যথার্থ সত্য উপলব্ধি করার পথে অন্তরায় হয়ে যে শক্তিগুলি দাঁড়িয়ে থাকে, সেগুলিকে নিজের ভিতর টেনে নিয়ে তাদের প্রভাব কমিয়ে দেওয়া, বা সেগুলিকে চিরকালের মতো একেবারে হরণ করা—এ সম্বন্ধে অনেক দৃষ্টান্ত ঠাকুরের জীবনে দেখেছি ও শুনেছি। দেখেছি, যে-সব কথা অপরের মুখ থেকে বেরিয়ে কারও মনে কোনো ভাবই জাগায়নি, সেগুলিই আবার তাঁর মুখনিঃসৃত হয়ে মানবহৃদয়ে এমন অদম্য আঘাত করেছে যে, সেইক্ষণ থেকে শ্রোতার জীবনের গতি পরিবর্তিত হয়ে গেছে! সে-সব কথা অন্য কোনো সময় পাঠককে সবিস্তারে বলার চেষ্টা করব। এখন মথুরবাবুর কথাই বলে যাই।
মথুর কীভাবে প্রকৃতিস্থ হয়েছিল
ঠাকুরের কথায় ও স্পর্শে মথুর ক্রমে প্রকৃতিস্থ হলেন। তিনি যে এভাবে প্রকৃতিস্থ হলেন, তার মূলে ঠাকুরের ইচ্ছা এবং স্পর্শে কোনো দর্শনাদি হয়েছিল কি না, তা আমাদের জানা নেই। তবে মনে হয়, সেটাই সম্ভব। মনে হয়, শ্রীশ্রীজগদম্বার মূর্তি তাঁর হৃদয়কন্দর অপূর্ব আলোয় উজ্জ্বল করে বিদ্যমান—এই দেখতে পেয়েই তাঁর আনন্দ আরও শতগুণে উচ্ছলিত হয়ে ওঠায় বাইরের প্রতিমা রক্ষা করার যে ঝোঁক মনে উঠেছিল, তা কমে গিয়েছিল। যথার্থ গুরু এভাবে উচ্চতর লক্ষ্যের উজ্জ্বল ছটায় শিষ্যের দৃষ্টি আকৃষ্ট করে দেন। কাজেই তখন নিম্নাঙ্গের ভাব-দর্শনাদি তার মন থেকে আপনা-আপনি খসে যায়।
মথুরের ভক্তিবিশ্বাসের অবিচলতা ঠাকুরকে পরীক্ষা করার ফলে
মথুরের ভক্তি-বিশ্বাস আমাদের চোখে অদ্ভুত বলে মনে হলেও তা যে নানাভাবে ঠাকুরকে যাচাই করার ফলেই গড়ে উঠেছিল, সে বিষয়ে আর সন্দেহ নেই। মথুর ধন দিয়ে, সুন্দরী রমণী দিয়ে, নিজের ও বাড়ির সকলের উপর অকুণ্ঠ প্রভুত্ব দিয়ে, হৃদয় প্রভৃতি ঠাকুরের আত্মীয়স্বজনের জন্য অকাতরে অর্থব্যয় করে, সবরকমে ঠাকুরকে যাচাই করে দেখেছিলেন—ইনি সাধারণ মানুষের মতো বাহ্যিক কিছুতেই ভোলেন না। বাহ্যিক ভাব-ভক্তির কপটাবরণ এঁর সূক্ষ্ম দৃষ্টির কাছে বেশিক্ষণ আত্মগোপন করে থাকতে পারে না! আর নরহত্যাদি দুষ্কর্ম করেও মন-মুখ এক করে যথার্থ সরলভাবে যদি কেউ এঁর শরণ নেয়, তবে তার সাত খুন মাপ করে তাকে সাদরে গ্রহণ করেন, দিন দিন উচ্চ লক্ষ্য চেনার ও ধরার সামর্থ্য দেন, এবং কী এক বিচিত্র শক্তির বলে তার জন্য অসম্ভবও সম্ভব হয়ে দাঁড়ায়!
মথুরের ভাবসমাধিলাভের ইচ্ছা
ঠাকুরের সঙ্গে থেকে এবং ভাবসমাধিতে তাঁর অসীম আনন্দানুভব দেখে বিষয়ী মথুরেরও একসময় ইচ্ছা হয়েছিল, ব্যাপারটা কী, একবার দেখবে ও বুঝবে। মথুরের হৃদয়ে তখন দৃঢ় ধারণা হয়েছিল, ‘বাবা ইচ্ছা করলেই ও-সব করে দিতে পারেন। কারণ, শিব বলো, কালী বলো, ভগবান বলো, কৃষ্ণ বলো, রাম বলো—সবই তো উনি নিজে! —তবে আর কী! কৃপা করে কাউকে নিজের কোনো মূর্তি যে দেখাতে পারবেন, এ আর বিচিত্র কী!’ বাস্তবিক এ এক কম অদ্ভুত ব্যাপার নয়। ঠাকুরের দর্শনলাভের পর যারাই তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছিল, তাদেরই ক্রমে ক্রমে এরকম ধারণা জন্মাত! সকলেরই মনে হত, ওঁর ইচ্ছায় অসম্ভবও সম্ভব হয়—উনি ইচ্ছা করলেই ধর্মজগতের সমস্ত সত্যই যে-কাউকে উপলব্ধি করিয়ে দিতে পারেন। আধ্যাত্মিক শক্তি ও নিজের পূত চরিত্রের বলে একজনের প্রাণেও এমন ভাব জাগাতে পারা কঠিন—অনেকের প্রাণে তো দূরের কথা! তা কেবল এক অবতার-পুরুষের পক্ষেই সম্ভব। তাঁদের অবতারত্বের বিশিষ্ট প্রমাণসমূহের মধ্যে এটি একটি কম প্রমাণ নয়। আর, এই মিথ্যা, শঠতা ও প্রতারণার রাজ্যে তাঁদের নামে অনেক ভেল জুয়াচুরি চলবে দেখতে পেয়েই, তাঁরা সকলের সমক্ষে ডঙ্কা মেরে বলে যান, “আমার অদর্শনের পর অনেক ভণ্ড ‘আমি অবতার, আমি দুর্বল জীবের শরণ ও মুক্তিদাতা’ বলে তোমাদের সামনে উপস্থিত হবে; সাবধান, তাদের কথায় ভুলো না।”[1]
সেজন্য ঠাকুরের কাছে প্রার্থনা
মথুরের মনে এই ভাব জাগামাত্র তিনি ঠাকুরকে গিয়ে ধরলেন। বললেন, “বাবা, আমার যাতে ভাবসমাধি হয়, তা তোমায় করে দিতেই হবে।” এমন ক্ষেত্রে ঠাকুর সব সময়েই যেমন বলতেন, তেমনই যে বলেছিলেন, তা আমরা বেশ বুঝতে পারি। বললেন, “ওরে, কালে হবে, কালে হবে। একটা বিচি পুঁতবামাত্রই কি গাছ হয়ে তার ফল খেতে পাওয়া যায়? কেন, তুই তো বেশ আছিস—এদিক-ওদিক দুদিক চলছে। ও-সব হলে এদিক (সংসার) থেকে মন উঠে যাবে, তখন তোর বিষয়-আশয় সব রক্ষা করবে কে? বার ভূতে সব যে লুটে খাবে। তখন কী করবি?”
উদ্ধব ও গোপীদের দৃষ্টান্তে ঠাকুরের তাকে বোঝানো
ও-সব কথা সেদিন শোনে কে? মথুর একেবারে ‘নাছোড়বান্দা’—‘বাবা’কে ভাবসমাধি করে দিতেই হবে। এভাবে বুঝিয়ে ফল হল না দেখে ঠাকুর আর এক গ্রাম চড়িয়ে ধরলেন। বললেন, “ওরে, ভক্তেরা কি দেখতে চায়? তারা সাক্ষাৎ সেবাই চায়। দেখলে শুনলে (ঈশ্বরের) ঐশ্বর্যজ্ঞানে ভয় আসে, ভালবাসা চাপা পড়ে। শ্রীকৃষ্ণ মথুরায় গেলে গোপীরা বিরহে আকুল! শ্রীকৃষ্ণ তাদের অবস্থা জেনে উদ্ধবকে বুঝাতে পাঠালেন। উদ্ধব জ্ঞানী কিনা! বৃন্দাবনের কান্নাকাটি ভাব, খাওয়ানো, পরানো ইত্যাদি উদ্ধব বুঝতে পারত না। গোপীদের শুদ্ধ ভালবাসাটাকে মায়িক ও ছোট বলে দেখত; তারও দেখে শুনে শিক্ষা হবে সেও এক কথা। উদ্ধব গিয়ে গোপীদের বুঝাতে লাগল—‘তোমরা সব কৃষ্ণ, কৃষ্ণ বলে অমন কেন করছ? জান তো, তিনি ভগবান, সর্বত্র আছেন; তিনি মথুরায় আছেন আর বৃন্দাবনে নেই, এটা তো হতে পারে না। অমন করে হা-হুতাশ না করে একবার চক্ষু মুদে দেখ দেখি, দেখবে, তোমাদের হৃদয়মাঝে সেই নবঘনশ্যাম মুরলীবদন বনমালী সর্বদা রয়েছেন’—ইত্যাদি। তাই শুনে গোপীরা বলেছিল, ‘উদ্ধব, তুমি কৃষ্ণসখা, জ্ঞানী, তুমি এসব কী কথা বলছ! আমরা কি ধ্যানী, না জ্ঞানী, না ঋষি-মুনির মতো জপ-তপ করে তাঁকে পেয়েছি? আমরা যাঁকে সাক্ষাৎ সাজিয়েছি-গুজিয়েছি, খাইয়েছি, পরিয়েছি, ধ্যান করে তাঁকে আবার ঐ সব করতে যাব? আমরা তা কি আর করতে পারি? যে মন দিয়ে ধ্যান-জপ করব, সে মন আমাদের থাকলে তো তা দিয়ে ঐসব করব! সে মন যে অনেক দিন হলো, কৃষ্ণপাদপদ্মে অর্পণ করেছি! আমাদের বলতে আমাদের কি আর কিছু আছে যে, তাইতে অহং-বুদ্ধি করে জপ করব?’ উদ্ধব তো শুনে অবাক! তখন সে গোপীদের কৃষ্ণের প্রতি ভালবাসা যে কত গভীর ও কী বস্তু, তা বুঝতে পেরে তাদের গুরু বলে প্রণাম করে চলে এল! এতেই দেখ না, ঠিক ঠিক ভক্ত কি তাঁকে দেখতে চায়? তাঁর সেবাতেই তার পরমানন্দ। তার অধিক—দেখা, শুনা, সে চায় না; তাতে তার ভাবের হানি হয়।”
এতেও যখন মথুর বুঝলেন না, তখন ঠাকুর বললেন, “তা কী জানি বাবু? মাকে বলব, তিনি যা হয় করবেন।”
মথুরের ভাবসমাধি হওয়া ও প্রার্থনা
এর কয়েক দিন পরেই মথুরের একদিন ভাবসমাধি! ঠাকুর বলতেন, “আমাকে ডেকে পাঠিয়েছে। গিয়ে দেখি, যেন সে মানুষ নয়! চক্ষু লাল, জল পড়ছে; ঈশ্বরীয় কথা কইতে কইতে কেঁদে ভাসিয়ে দিচ্চে! আর বুক থর থর করে কাঁপচে। আমাকে দেখে একেবারে পা-দুটো জড়িয়ে ধরে বললে, ‘বাবা ঘাট হয়েছে! আজ তিন দিন ধরে এই রকম, বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতে মন যায় না! সব খানে খারাপ হয়ে গেল। তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, আমার চাই নে।’ বললুম—‘কেন? তুই যে ভাব হোক, বলেছিলি?’ তখন সে বললে, ‘বলেছিলুম, আনন্দও আছে; কিন্তু হলে কী হয়, এদিকে যে সব যায়। বাবা, ও তোমার ভাব তোমাকেই সাজে। আমাদের ও সবে কাজ নেই! ফিরিয়ে নাও।’ তখন আমি হাসি আর বলি, ‘তোকে তো এ কথা আগেই বলেছি?’ সে বললে, ‘হাঁ বাবা, কিন্তু তখন কি অত-শত জানি যে, ভূতের মতো এসে ঘাড়ে চাপবে? আর তার গোঁয়ে আমার চব্বিশ ঘণ্টা ফিরতে হবে? —ইচ্ছা করলেও কিছু করতে পারব না!’ তখন তার বুকে আবার হাত বুলিয়ে দি!”
ত্যাগী না হলে ভাবসমাধি স্থায়ী হয় না
বাস্তবিক ভাব বা সমাধি হলেই হয় না। তার বেগ সহ্য করতে—তাকে রক্ষা করতে পারে কটা লোক? এতটুকু বাসনার পিছুটান থাকতে তা পারা অসম্ভব। ঈশ্বরীয় পথের পথিককে শাস্ত্র সেজন্যই আগে থেকে নির্বাসনা হতে বলেছেন—‘ত্যাগেনৈকেনামৃতত্বমানশুঃ’—একমাত্র ত্যাগ ও বৈরাগ্যই অমৃতত্ব দিতে সমর্থ। ক্ষণিক ভাবোচ্ছ্বাসে নিম্নাঙ্গের সমাধি হল, কিন্তু ভিতরে ধন হোক, মান হোক ইত্যাদি বাসনার রাশি গজ গজ করছে, এমন লোকের সেই ভাব কখনোই স্থায়ী হয় না।
এ বিষয়ের দৃষ্টান্ত—কাশীপুরের বাগানে আনীত জনৈক ভক্ত যুবকের কথা
আচার্য শঙ্কর যেমন বলেছেন –
আপাতবৈরাগ্যবতো মুমুক্ষূন্ ভবাব্ধিপারং প্রতিযাতুমুদ্যতান্।
আশাগ্রহো মজ্জয়তেঽন্তরালে, নিগৃহ্য কণ্ঠে বিনিবর্ত্য বেগাৎ॥
– বিবেকচূড়ামণি, ৭৯
—অর্থাৎ, যথার্থ বৈরাগ্যরূপ সম্বল আগে সংগ্রহ না করে, ভবসমুদ্রের পারে যাওয়ার জন্য যারা অগ্রসর হয়, বাসনা-কুম্ভীর তাদের ঘাড় ধরে ফিরিয়ে জোর করে অতলজলে ডুবিয়ে দেয়। —বাস্তবিক, কতই না এমন দৃষ্টান্ত আমরা ঠাকুরের কাছে দেখেছি! কাশীপুরের বাগানে ঠাকুর তখন রয়েছেন; একদিন কয়েকজন বৈষ্ণব ভক্ত একটি উন্মনা যুবককে সঙ্গে নিয়ে এসে উপস্থিত হলেন। এঁদের আগে কখনো আসতে আমরা দেখিনি। আসার কারণ, সঙ্গী যুবকটিকে একবার ঠাকুরকে দেখাবেন, এবং যুবকটির সহসা কী আধ্যাত্মিক অবস্থা দেখা দিয়েছে, সে বিষয়ে ঠাকুরের মতামত শুনবেন। ঠাকুরের কাছে সংবাদ দেওয়া হল।
যুবকটিকে দেখলাম—বুক ও মুখ লাল, দীনভাবে সকলের পদধূলি নিচ্ছে; ভগবানের নামে ঘন ঘন কম্পন ও পুলক; এবং দু-নয়ন দিয়ে অবিশ্রান্ত জলধারা বওয়ায় চোখ দুটি রক্তিম ও কিছুটা স্ফীতও হয়েছে। দেখতে শ্যামবর্ণ, না মোটা না রোগা, মুখমণ্ডল ও অবয়বাদি সুশ্রী এবং সুগঠিত, মাথায় শিখা। পরনে একখানি ময়লা সাদা ধুতি, গায়ে উত্তরীয় ছিল না বলেই মনে হয়; পায়ে জুতো নেই; এবং শরীরের পরিচর্যা বা রক্ষার বিষয়ে একেবারে উদাসীন! শুনলাম—হরিসংকীর্তন করতে করতে একদিন সহসা এমন উত্তেজিত অবস্থা দেখা দিয়েছে। তখন থেকে আহার একরকম নেই বললেই হয়, নিদ্রা নেই, এবং ভগবানলাভ হল না বলে দিনরাত কান্নাকাটি ও মাটিতে গড়াগড়ি! আজ কয়েক দিন হল, এরকম হয়েছে।
আধ্যাত্মিক ভাবের আতিশয্যে দেখা দেওয়া বিকারগুলি চেনার ঠাকুরের শক্তি। গুরু যথার্থই ভবরোগ-বৈদ্য
আধ্যাত্মিক ভাবসমূহের আতিশয্যে মানবশরীরে যে সব বিকার দেখা দেয়, সেগুলি ধরার ও চেনার শক্তি ঠাকুরের যেমন দেখেছি, এমন আর কোথাও দেখিনি! গুরুগীতাদিতে শ্রীগুরুকে ‘ভবরোগ-বৈদ্য’ ইত্যাদি শব্দে অভিহিত করা হয়েছে; তার ভিতর যে এত গূঢ় অর্থ আছে, তা ঠাকুরের পুণ্যদর্শনলাভের আগে একটুও বুঝিনি। শ্রীগুরু যে বাস্তবিকই মানসিক রোগের বৈদ্য, এবং ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক ভাবে মানবমনে যে যে বিকার ঘটে, তা দেখামাত্র চিনে, লক্ষণ দেখে ধরে, অনুকূল হলে তা যাতে সাধকের মনে সহজ হয়ে দাঁড়ায় ও তাকে উচ্চতর ভাবসোপানে আরোহণ করার ক্ষমতা দেয়, এমনভাবে ব্যবস্থা করে দেন, এবং প্রতিকূল বুঝলে তা যাতে সাধকের অনিষ্ট না করে ধীরে ধীরে দূর হয়ে যায়, তারও ব্যবস্থা করেন—এ কথা আগে কিছুই জানা ছিল না। ঠাকুরকে প্রতিদিন এমন করতে দেখেই সে বিষয়ে মনে দৃঢ় ধারণা হয়েছে। দেখেছি—পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের প্রথম নির্বিকল্প সমাধিলাভ হলে অমনি ঠাকুর ব্যবস্থা করছেন, “তুই এখন কয়েকদিন কারও হাতে খাস নি, নিজে রেঁধে খাস। এ অবস্থায় বড় জোর নিজের মার হাতে খাওয়া চলে, অপর কারও হাতে খেলেই ঐ ভাব নষ্ট হয়ে যায়! পরে ঐটে সহজ হয়ে দাঁড়ালে, তখন আর ভয় নেই!” গোপালের মার বায়ুবৃদ্ধিতে শারীরিক যন্ত্রণা দেখে বলছেন, “ও যে তোমার হরি-বাই, ও গেলে কী নিয়ে থাকবে? ও থাকা চাই; তবে যখন বিশেষ কষ্ট হবে, তখন যা হোক কিছু খেও।” বাহ্যিক শৌচে অত্যন্ত অভ্যাস ও অনুরাগের জন্য একজন ভক্তের মন শরীর ভুলে একেবারে ঈশ্বরে তন্ময় হয় না দেখে গোপনে ব্যবস্থা করছেন, “লোকে যেখানে মল-মূত্র ত্যাগ করে, সেইখানকার মাটিতে তুমি একদিন ফোঁটা পরে ঈশ্বরকে ডেকো।” সংকীর্তনে একজনের উদ্দাম শারীরিক বিকার তার উন্নতির প্রতিকূল দেখে তিরস্কার করে বলছেন, “শালা, আমায় ভাব দেখাতে এসেছেন। ঠিক ঠিক ভাব হলে কখনো এমন হয়? ডুবে যায়; স্থির হয়ে যায়। ও কী? স্থির হ, শান্ত হয়ে যা। (অপর সকলকে লক্ষ্য করে) এ সব কেমন ভাব জান? যেমন এক ছটাক দুধ কড়ায় করে আগুনে বসিয়ে ফোটাচ্ছে; মনে হচ্চে, যেন কতই দুধ, এক কড়া; তারপর নামিয়ে দেখ, একটুও নেই, যেটুকু দুধ ছিল, সব কড়ার গায়েই লেগে গেছে।” একজনের মনোভাব বুঝে বলছেন, “যাঃ শালা, খেয়ে লে, পরে লে, সব করে লে, কিন্তু কোনটাই ধর্ম কচ্চিস বলে করিসনি”; ইত্যাদি কত লোকের কত কথাই বা বলব!
সেই যুবকের অবস্থা সম্বন্ধে ঠাকুরের মীমাংসা
সেই যুবককে দেখেই এক্ষেত্রে ঠাকুর বললেন, “এ যে দেখচি মধুরভাবের[2] পূর্বাভাস! কিন্তু এ অবস্থা এর থাকবে না, রাখতে পারবে না। এ অবস্থা রক্ষা করা বড় কঠিন। স্ত্রীলোককে ছুঁলেই (কামভাবে) এ ভাব আর থাকবে না! একেবারে নষ্ট হয়ে যাবে।” যা হোক, যুবকটির যে মাথা খারাপ হয়নি, ঠাকুরের কথায় তা জেনে আগন্তুক ভক্তেরা কিছুটা আশ্বস্ত হয়ে ফিরে গেলেন। তারপর কিছু দিন কেটে গেলে সংবাদ পাওয়া গেল—ঠাকুর যা বলেছিলেন, তা-ই হয়েছে—যুবকটির কপাল ভেঙেছে! সংকীর্তনের ক্ষণিক উত্তেজনায় সে ভাগ্যক্রমে যত উঁচুতে উঠেছিল, হায় হায়—ভাবাবসাদে দুর্ভাগ্যক্রমে আবার ততই নিচে নেমেছে! পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ এমন হওয়ার ভয়েই সর্বদা জ্ঞানমিশ্রা ভক্তিরই পক্ষপাতী ছিলেন এবং তেমন ভক্তির সাধন করতে শিক্ষা দিতেন।
ঠাকুরের মথুরকে সব বিষয় বালকের মতো খুলে বলা ও মতামত নেওয়া
মথুরের যেমন ‘বাবা’র কাছে কোনো বিষয় গোপন ছিল না, ‘বাবা’রও আবার ভাবসমাধির কাল ছাড়া অন্য সব সময়ে মথুরের উপর তেমনি ভাব ছিল—মায়ের কাছে বালক যেমন, সখার কাছে সখা যেমন অকপটে সব কথা খুলে বলে, পরামর্শ করে, মতামত সাদরে গ্রহণ করে ও ভালোবাসার উপর নির্ভর করে। পরাবিদ্যার সর্বোচ্চ সোপানে আরোহণ করলে মানুষের অবস্থা যে সাধারণ দৃষ্টিতে উন্মাদ, পিশাচ বা বালকের মতো বলে মনে হয়, শাস্ত্রের এ কথা আমরা পাঠককে আগেই বলেছি। শুধু তা-ই নয়, জগৎপূজ্য আচার্য শঙ্কর এ কথাও স্পষ্ট লিখে গেছেন যে, এমন মানব অতুল রাজ-বৈভব উপভোগ করুন বা কৌপীনমাত্রৈকসম্বল হয়ে ভিক্ষান্নে উদরপোষণ করুন, সাধারণ মানুষ যাকে বড় সুখের অবস্থা বা বড় দুঃখের অবস্থা বলে গণ্য করে, তার ভিতরে থেকেও কিছুতেই বিচলিত হন না; সর্বদা আত্মানন্দে আপনাতে আপনি বিভোর হয়ে থাকেন।
ক্বচিন্মূঢ়ো বিদ্বান্ ক্বচিদপি মহারাজবিভবঃ
ক্বচিদ্ভ্রান্তঃ সৌম্যঃ ক্বচিদজগরাচারকলিতঃ।
ক্বচিৎ পাত্রীভূতঃ ক্বচিদবমতঃ ক্বাপ্যবিদিত-
শ্চরত্যেবং প্রাজ্ঞঃ সততপরমানন্দসুখিতঃ॥
– বিবেকচূড়ামণি, ৫৪৩
—অর্থাৎ, ‘মুক্ত ব্যক্তি কখনো মূঢ়ের মতো, আবার কখনো পণ্ডিতের মতো, আবার কখনো বা রাজার মতো বিভবশালী হয়ে বিচরণ করেন। তাঁকে কখনো পাগলের মতো, আবার কখনো ধীর, স্থির, বুদ্ধিমানের মতো বলে বোধ হয়। আবার কখনো বা তাঁকে নিত্যপ্রয়োজনীয় আহার্য প্রভৃতির জন্যও যাচ্ঞা না করে অজগরের মতো থাকতে দেখা যায়। তিনি কোথাও বা বহু মান পান, আবার কোথাও বা অপমানিত হন, আবার কোথাও বা একেবারে অপরিচিতভাবে থাকেন। এভাবে সকল অবস্থায় তিনি পরমানন্দে বিভোর ও অবিচলিত থাকেন।’ জীবন্মুক্ত পুরুষদের সম্বন্ধেই যখন এ কথা, তখন মহামহিম অবতার-পুরুষদের তেমনভাবে সর্বাবস্থায় অবিচলিত থাকা ও বালকের মতো ব্যবহার করাটা আর বেশি কথা কী? অতএব মথুরের সঙ্গে ঠাকুরের এমন আচরণ কিছু বিচিত্র নয়। কিন্তু তাঁর সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ থেকে মথুর যে এতকাল কাটাতে পেরেছিলেন, তা বড় কম ভাগ্যের কথা নয়!
মথুরের কল্যাণের দিকে ঠাকুরের কতটা দৃষ্টি ছিল
কী একটা মধুর সম্বন্ধই না মথুরের সঙ্গে ঠাকুরের ছিল! সাধনকালে এবং পরেও কখনো কোনো জিনিসের দরকার হলে অমনি তা মথুরকে বলতেন। সমাধিকালে বা অন্য সময়ে যা কিছু দর্শনাদি ও ভাব হত, তা মথুরকে বলে “এটা কেন হলো, বল দেখি?” “ওটা তোমার মনে কী হয়—বল দেখি?” ইত্যাদি জিজ্ঞাসা করতেন। তার পয়সার যাতে সদ্ব্যয় হয়, দেবসেবার পয়সায় যাতে যথার্থ দেবসেবা হয়ে অতিথি, কাঙাল, সাধু-সন্ত প্রভৃতি পালিত হয় ও তার পুণ্যসঞ্চয় হয়ে কল্যাণ হয়, সে বিষয়ে ঠাকুরের নজর থাকত—এরকম সব ব্যাপারে কত কথাই না আমরা শুনেছি। পুণ্যবতী রানী রাসমণি ও মথুরের শরীর যাওয়ার অনেক পরে যখন আমরা সকলে ঠাকুরের কাছে গিয়েছি, তখনও মধ্যে মধ্যে ঠাকুরের সেই ভাবের পরিচয় আমরা পেয়েছি। একটি দৃষ্টান্ত দিলে এখানে মন্দ হবে না।
এ বিষয়ের দৃষ্টান্ত—ফলহারিণী-পূজার প্রসাদ ঠাকুরের চেয়ে নেওয়া
মথুরের আমল থেকে বন্দোবস্ত ছিল, ৺মা কালী ও ৺রাধাগোবিন্দের ভোগরাগাদির পর বড় থালায় করে এক থালা প্রসাদী অন্নব্যঞ্জন ও এক থালা ফল-মূল-মিষ্টান্ন প্রভৃতি ঠাকুরের ঘরে প্রতিদিন আসবে, এবং ঠাকুর নিজে ও তাঁর কাছে যাঁরা উপস্থিত থাকবেন, তাঁরা প্রসাদ পাবেন। তা ছাড়া বিশেষ বিশেষ পর্বদিনে মা কালী ও রাধাগোবিন্দজীকে যে বিশেষ ভোগরাগাদি দেওয়া হত, তারও কিছু অংশ এভাবেই ঠাকুরের কাছে পৌঁছে দেওয়া হত।
বর্ষাকাল। আজ ফলহারিণী পূজার দিন। এই দিনে ঠাকুরবাড়িতে বেশ একটি ছোটখাটো আনন্দোৎসব হত। শ্রীশ্রীজগন্মাতা কালিকার বিশেষ পূজা করে নানারকম ফল-মূল ভোগ-নিবেদন করা হত। আজও তেমনই হচ্ছে। নহবত বাজছে। ঠাকুরের কাছে আজ যোগানন্দ স্বামীজী প্রভৃতি কয়েকজন ভক্ত উপস্থিত আছেন।
বিশেষ বিশেষ পর্বদিনে ঠাকুরের ভিন্ন ভিন্ন প্রকারের ভাব-সমাধির স্বাভাবিক উদয়
বিশেষ বিশেষ পর্বদিনে ঠাকুরের শরীর-মনে বিশেষ বিশেষ দেবভাব প্রকাশ পেত। বৈষ্ণবদের পর্বদিনে বৈষ্ণবভাব এবং শাক্তদের পর্বদিনে শক্তিসম্বন্ধীয় ভাবসমূহ প্রকাশ পেত। যেমন, শ্রীশ্রীদুর্গাপূজার সময়, বিশেষত সেই পূজার সন্ধিক্ষণে, অথবা ৺কালীপূজাদির সময়ে ঠাকুর শ্রীশ্রীজগদম্বার ভাবে আবিষ্ট, নিস্পন্দ ও কখনো কখনো বরাভয়কর পর্যন্ত হয়ে যেতেন; জন্মাষ্টমী প্রভৃতি পর্বদিনে শ্রীকৃষ্ণ ও শ্রীমতীর ভাবে আরূঢ় হওয়ায় কম্প-পুলকাদি অষ্টসাত্ত্বিক লক্ষণ তাঁর শরীরে দেখা যেত—এইরকম। আবার সেই সেই ভাবাবেশ এত সহজে স্বাভাবিকভাবে আসত যে, তা যে কোনোরকম বিশেষ চেষ্টার ফলে হচ্ছে, এ কথা আদৌ মনে হত না! বরং এমন দেখা গেছে, সেরকম পর্বদিনে ঠাকুর আমাদের সঙ্গে অন্য নানা প্রসঙ্গে কথায় খুব মেতেছেন, সেই দিন ঈশ্বরের যে বিশেষ লীলাপ্রকাশ হয়েছিল, সে কথা ভুলেই গেছেন, এমন সময় হঠাৎ তাঁর মন ওই সব বাইরের ব্যাপার থেকে গুটিয়ে একেবারে ঈশ্বরের সেই ভাবে গিয়ে তন্ময় হয়ে পড়ল! কে যেন জোর করে এরকম করিয়ে দিল! কলিকাতায় শ্যামপুকুরে থাকার সময় আমরা এমন দৃষ্টান্ত অনেক দেখেছি। ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রমুখ একঘর লোকের সঙ্গে কথা বলতে বলতে শ্রীশ্রীদুর্গাপূজার সন্ধিক্ষণে হঠাৎ ঠাকুরের তেমন ভাবাবেশ হল! তাঁর তখনকার সেই হাস্যচ্ছটায় বিকশিত জ্যোতিঃপূর্ণ মুখমণ্ডল ও তার আগের মুহূর্তের অসুস্থতার জন্য কালিমাপ্রাপ্ত বদন দেখে কে বলবে যে, ইনি সেই লোক—কে বলবে, এঁর কোনো অসুস্থতা আছে!
আজকের ফলহারিণী পূজার দিনেও মধ্যে মধ্যে ঠাকুরের শরীর-মনে সেইরকম ভাবাবেশ হচ্ছে; কখনো বা তিনি আনন্দে উৎফুল্ল হয়ে পাঁচ বছরের শিশুর মতো মা-র নাম গেয়ে আনন্দে নৃত্য করছেন। সকলে মুগ্ধ হয়ে সেই অপূর্ব বদনশ্রীর দিকে চেয়ে রয়েছেন এবং সেই অদৃষ্টপূর্ব দেবমানবের সঙ্গগুণে মনে কত রকম অপূর্ব দিব্যভাব অনুভব করছেন। মা-র পূজা সাঙ্গ হতে হতে রাত্রি প্রায় শেষ হল। একটু বিশ্রাম করতে না করতেই প্রভাত।
বেলা প্রায় ৮।৯টার সময় ঠাকুর দেখলেন যে, তাঁর ঘরে যে প্রসাদী ফল-মূলাদি পাঠানোর বন্দোবস্ত আছে, তা তখনো পৌঁছায়নি। কালীঘরের পূজারী ভাইপো রামলালকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারলেন না; বললেন—“সমস্ত প্রসাদী দ্রব্য দপ্তরখানায় খাজাঞ্চি মহাশয়ের কাছে যথারীতি পাঠানো হয়েছে; সেখান থেকে সকলকে, যার যেমন পাওনা বরাদ্দ আছে, বিতরণ করা হচ্ছে; কিন্তু এখানকার (ঠাকুরের) জন্য এখনো কেন আসেনি, বলতে পারি না।” রামলালদাদার কথা শুনেই ঠাকুর ব্যস্ত ও চিন্তিত হলেন। “কেন এখনো দপ্তরখানা থেকে প্রসাদ এল না?” —একে জিজ্ঞাসা করলেন, ওকে জিজ্ঞাসা করলেন, আর সেই কথা নিয়েই আলোচনা করতে লাগলেন! এভাবে অল্পক্ষণ অপেক্ষা করে যখন দেখলেন—তখনো এল না, তখন চটিজুতোটি পরে নিজেই খাজাঞ্চির কাছে এসে উপস্থিত! বললেন, “হ্যাঁগা, ও ঘরের (নিজের ঘর দেখিয়ে) বরাদ্দ পাওনা এখনো দেওয়া হয়নি কেন? ভুল হলো নাকি? চিরকেলে মামুলি বন্দোবস্ত, এখন ভুল হয়ে বন্ধ হবে, বড় অন্যায় কথা!” খাজাঞ্চি মহাশয় একটু অপ্রতিভ হয়ে বললেন—“এখনো আপনার ওখানে পৌঁছায়নি? বড় অন্যায় কথা! আমি এখনি পাঠিয়ে দিচ্ছি।”
ঠাকুর এভাবে প্রসাদ চেয়ে নেওয়ায় যোগানন্দ স্বামীর চিন্তা
স্বামী যোগানন্দ তখন বালক। সৎকুলে বনেদি সাবর্ণ চৌধুরীদের ঘরে জন্ম, কাজেই মনে বেশ একটু অভিমানও ছিল। ঠাকুরবাড়ির খাজাঞ্চি, কর্মচারী, পূজারী প্রভৃতিদের একটা মানুষ বলেই বোধ হত না। তবে ঠাকুরের ভালোবাসায় ও অহেতুক কৃপায় তাঁর শ্রীপদে মাথা বিক্রি করে ফেলেছেন; এবং রাসমণির বাগানের একরকম পাশেই তাঁদের বাড়ি বললেও চলে। কাজেই ঠাকুরের কাছে রোজ যাওয়া-আসার বেশ সুবিধা। আর না গিয়েই বা করেন কী? ঠাকুরের অদ্ভুত আকর্ষণ যে জোর করে নিয়মিত সময়ে টেনে নিয়ে যায়! কিন্তু ঠাকুরকে মানেন বলে কি আর ঠাকুরবাড়ির লোকদের সঙ্গে প্রীতিভরে আলাপ করা চলে? তাই ‘প্রসাদী ফল-মূল কেন এল না’ বলে ঠাকুর ব্যস্ত হলে তিনি বলেই ফেললেন—“তা নাই বা এল মশায়, ভারি তো জিনিস! আপনার তো ও-সকল পেটে সয় না, ওর কিছুই তো খান না—তখন নাই বা দিলে?” আবার ঠাকুর যখন তাঁর এ কথায় কিছুমাত্র কর্ণপাত না করে অল্পক্ষণ পরেই নিজে খাজাঞ্চিকে এর কারণ জিজ্ঞাসা করতে গেলেন, তখন যোগীন ভাবতে লাগলেন—‘কী আশ্চর্য! ইনি আজ সামান্য ফল-মূল-মিষ্টান্নের জন্য এত ব্যস্ত হয়ে উঠলেন কেন? যাঁকে কিছুতে বিচলিত হতে দেখিনি, তাঁর আজ এ ভাব কেন?’ ভেবেচিন্তে বিশেষ কোনো কারণই খুঁজে না পেয়ে শেষে সিদ্ধান্ত করলেন—‘বুঝেছি! ঠাকুরই হন, আর যত বড় লোকই হন, আকরে টানে আর কী! বংশানুক্রমে চাল-কলা-বাঁধা পূজারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন, সে বংশের গুণ একটু না একটু থাকবে তো? তাই আর কী! বড় বড় বিষয়ে ব্যস্ত হন না, কিন্তু এ সামান্য বিষয়ের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন! তা নহিলে, নিজে ও-সব খাবেন না, নিজের কোন দরকারেই লাগবে না, তবু তার জন্য এত ভাবনা কেন? বংশানুগত অভ্যাস!’
ঠাকুরের এরকম করার কারণ নির্দেশ
যোগীন বা যোগানন্দ স্বামীজী এই সিদ্ধান্ত করে বসে আছেন, এমন সময় ঠাকুর ফিরে এলেন এবং তাঁকে লক্ষ্য করে বলতে লাগলেন, “কী জানিস, রাসমণি দেবতার ভোগ হয়ে সাধু-সন্ত ভক্ত লোকে প্রসাদ পাবে বলে এতটা বিষয় দিয়ে গেচে। এখানে যা প্রসাদী জিনিস আসে, সে সব ভক্তেরাই খায়; ঈশ্বরকে জানবে বলে যারা সব এখানে আসে, তারাই খায়। এতে রাসমণির যে জন্য দেওয়া, তা সার্থক হয়। কিন্তু তার পর ওরা (ঠাকুরবাড়ির বামুনেরা) যা সব নিয়ে যায়, তার কি ওরূপ ব্যবহার হয়? চাল বেচে পয়সা করে! কারু কারু আবার বেশ্যা আছে; ঐসব নিয়ে গিয়ে তাদের খাওয়ায়, এইসব করে! রাসমণির যেজন্য দান, তার কিছুও অন্তত সার্থক হবে বলে এত করে ঝগড়া করি!” যোগীন স্বামীজী শুনে অবাক। ঠাকুরের এ কাজেরও এত গূঢ় অর্থ!
মথুরের সঙ্গে ঠাকুরের অদ্ভুত সম্বন্ধ
এভাবে কী একটা মধুর সম্বন্ধই না ঠাকুর মথুরের সঙ্গে পাতিয়েছিলেন! ঠাকুরের এমন অহেতুক কৃপার ফলেই যে মথুরের ভালোবাসা ঘনীভূত হয়ে শেষে ‘বাবা’-অন্ত-প্রাণ হয়েছিল, এ কথা বেশ বোঝা যায়। তারপর ঠাকুরের বালকবৎ অবস্থা মথুরকে কম আকর্ষণ করেনি। সাংসারিক সব বিষয়ে অনভিজ্ঞ বালকের প্রতি কার মন আকৃষ্ট না হয়? কাছে থাকলে—ক্রীড়া-মত্ততায় পাছে তার কোনো অনিষ্ট হয় ভেবে ভয়চকিত চোখে তার অকারণ-মধুর আচরণ দেখতে ও তাকে রক্ষা করতে কে না ত্রস্তভাবে এগিয়ে যায়? আর ঠাকুরের বালকভাবটাতে তো আর কৃত্রিমতা বা ভানের লেশমাত্র ছিল না! যখন তিনি সেই ভাবে থাকতেন, তখন তাঁকে ঠিক ঠিক আত্মরক্ষায় অসমর্থ বালক বলেই বোধ হত! কাজেই তেজীয়ান, বুদ্ধিমান মথুরের মনে তাঁকে সব বিষয়ে রক্ষা করার যে একটা চেষ্টা স্বভাবতই জাগবে, তাতে আর বিচিত্র কী? অতএব একদিকে মথুর যেমন ঠাকুরের দৈবশক্তির উপর নির্ভর করতেন, অপরদিকে তেমনি আবার তিনি ‘বাবা’কে অনভিজ্ঞ বালক জেনে সর্বদা রক্ষা করতে প্রস্তুত থাকতেন। ‘বাবা’তে সর্বজ্ঞ গুরুভাব ও অল্পজ্ঞ বালকভাবের এমন বিচিত্র সমাবেশ দেখে, মথুর বোধ হয় মনে মনে স্থির করেছিলেন যে, তাঁকে সাংসারিক সব ব্যাপারে, এমনকি শরীর রক্ষা প্রভৃতি বিষয়েও ‘বাবা’কে রক্ষা করতে হবে; আর মানব-চক্ষু ও শক্তির অন্তরালে অবস্থিত সূক্ষ্ম পারমার্থিক ব্যাপারে ‘বাবা’ই তাঁকে রক্ষা করবেন। অতএব একই কালে দেব ও মানব, সর্বজ্ঞ ও অল্পজ্ঞ, মহাজটিল বিপরীত ভাবসমষ্টির অপরূপ সম্মিলনভূমি এই অদ্ভুত ‘বাবা’র প্রতি মথুরের ভালোবাসাটাও যে একটা জটিল ভাব ধারণ করেছিল, এ কথা আমরা বেশ বুঝতে পারি। ভাবমুখে অবস্থিত বরাভয়কর ‘বাবা’ মথুরের উপাস্য হলেও, মথুরকে আবার সময়ে সময়ে বালকভাবাবিষ্ট সরলতা ও নির্ভরের ঘনমূর্তি সেই ‘বাবা’কেই নানা কথায় ভোলাতে ও বোঝাতে হত!
কামকীটের কথা বলে বালকভাবাপন্ন ঠাকুরকে মথুরের বোঝানো
বাবা যা যা জিজ্ঞাসা করতেন, সে সব বোঝাবার উদ্ভাবনী শক্তিও মথুরের ভালোবাসায় বেশ জুটে যেত! একদিন মথুরের সঙ্গে কথা বলতে বলতে ‘বাবা’ হঠাৎ বাইরে গেলেন, এবং চিন্তায় মুখখানি শুকনো করে ফিরে এসে মথুরকে বললেন, “একি ব্যারাম হলো, বল দেখি? দেখলুম, প্রস্রাবের দ্বার দিয়ে শরীর থেকে যেন একটা পোকা বেরিয়ে গেল! শরীরের ভিতরে এমন তো কারুর পোকা থাকে না। আমার একি হলো?” এর আগেই যে ‘বাবা’ হয়তো গূঢ় আধ্যাত্মিক তত্ত্বগুলি অপূর্ব সরলভাবে বুঝিয়ে মোহিত ও মুগ্ধ করছিলেন, সেই ‘বাবা’ই এখন বালকের মতো নিষ্কারণ ভেবে অস্থির! মথুরের আশ্বাসবাক্য এবং বুদ্ধির উপর নির্ভর করছেন! মথুর শুনেই বললেন, “ও তো ভালই হয়েছে, বাবা! সকলের অঙ্গেই কামকীট আছে। উহাই তাদের মনে নানা কুভাবের উদয় করে কুকাজ করায়। মা-র কৃপায় তোমার অঙ্গ থেকে সেই কামকীট বেরিয়ে গেল! এতে এত ভাবনা কেন?” ‘বাবা’ শুনেই বালকের মতো আশ্বস্ত হয়ে বললেন, “ঠিক বলেছ; ভাগ্যিস তোমায় এ কথা বললুম, জিজ্ঞাসা করলুম!” এই বলে বালকের মতো সেই কথায় আনন্দ প্রকাশ করতে লাগলেন।
ভক্তদের আগমন নিয়ে মথুরের সঙ্গে ঠাকুরের কথা
কথায় কথায় একদিন ‘বাবা’ বললেন, “দেখ, মা সব আমায় দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিয়েচেন, এখানকার (ঠাকুরের নিজের) সব ঢের অন্তরঙ্গ আছে; তারা সব আসবে; এখান থেকে ঈশ্বরীয় বিষয় জানবে, শুনবে, প্রত্যক্ষ করবে; প্রেমভক্তি লাভ করবে; (নিজের শরীর দেখিয়ে) এ খোলটা দিয়ে মা অনেক খেলা খেলবেন, অনেকের উপকার করবেন, তাই এ খোলটা এখনও ভেঙে দেন নি—রেখেচেন। তুমি কী বল? এ সব কি মাথার ভুল, না ঠিক দেখেচি, বল দেখি?”
মথুর বললেন, “মাথার ভুল কেন হবে, বাবা? মা যখন তোমায় এ পর্যন্ত কোনটাই ভুল দেখান নাই, তখন এটাই বা কেন ভুল হবে? এটাও ঠিক হবে; এখনও তারা সব দেরি করচে কেন? (অন্তরঙ্গ ভক্তেরা) শিগ্গির শিগ্গির আসুক না, তাদের নিয়ে আনন্দ করি।”
‘বাবা’ও বুঝে গেলেন, মা ওসব ঠিক দেখিয়েছেন। বললেন, “কী জানি বাবু, কবে তারা সব আসবে; মা বলেছেন, দেখিয়েছেন, মার ইচ্ছায় যা হয় হবে।”
ঠাকুরের বালকভাবের দৃষ্টান্ত—সুষনিশাক তোলার কথা
রানী রাসমণির পুত্র ছিল না, চার কন্যা ছিল। মথুরবাবু তাঁদের মধ্যে তৃতীয়া ও কনিষ্ঠাকে পর পর বিবাহ করেছিলেন। অবশ্য একজনের মৃত্যু হলে অন্যজনকে বিবাহ করেছিলেন। জামাতাদের মধ্যে বিষয় নিয়ে পরে পাছে কোনো গণ্ডগোল বাধে, এজন্য বুদ্ধিমতী রানী নিজে বেঁচে থাকতেই প্রত্যেকের ভাগ নির্দিষ্ট ও চিহ্নিত করে দিয়ে গিয়েছিলেন। এভাবে বিষয়ভাগ হওয়ার পর একদিন মথুরবাবুর পত্নী বা সেজগিন্নি অন্যের ভাগের একটা পুকুরে স্নান করতে গিয়ে সুন্দর সুষনি শাক হয়েছে দেখে তুলে নিয়ে এলেন। কেবল ঠাকুর তাঁর এ কাজ দেখতে পেয়েছিলেন। তাঁর এমন কাজ দেখেই ঠাকুরের মনে নানা তোলাপাড়া শুরু হল! না বলে ওভাবে অন্যের বিষয় সেজগিন্নি নিয়ে গেল, বড় অন্যায়। না বলে ওভাবে নিলে যে চুরি করা হয়, তা ভাবল না। আর অন্যের জিনিসে ওরকম লোভ করা কেন বাবু? —ইত্যাদি, ইত্যাদি। এরকম নানা কথা ভাবছেন, এমন সময় রানীর যে কন্যার ভাগে সেই পুকুর পড়েছে, তাঁর সঙ্গে দেখা। অমনি ঠাকুর তাঁর কাছে ঘটনার আদ্যোপান্ত বললেন। তিনি শুনে এবং সেজগিন্নি যেন কতই অন্যায় করেছে বলে ঠাকুরের ওইরকম গম্ভীর ভাব দেখে হাসি সামলাতে পারলেন না। ব্যঙ্গ করে বললেন, ‘তাই তো বাবা, সেজ বড় অন্যায় করেছে।’ এমন সময় সেজগিন্নিও সেখানে এসে হাজির। তিনিও বোনের হাসির কারণ শুনে পরিহাস করে বললেন, ‘বাবা, এ কথাটিও কি তোমার ওকে বলে দিতে হয়? আমি পাছে ও দেখতে পায় বলে লুকিয়ে শাকগুলি চুরি করে নিয়ে এলুম, আর তুমি কিনা তাই বলে দিয়ে আমাকে অপদস্থ করলে!’ এই বলে দুই বোনে হাসির রোল তুললেন। তখন ঠাকুর বললেন, “তা, কী জানি বাবু, যখন বিষয় সব ভাগ-যোগ হয়ে গেল, তখন ওরূপে না বলে নেওয়াটা ভাল নয়; তাই বলে দিলুম যে, উনি শুনে যা হয় বোঝা-পড়া করুন।” রানীর কন্যারা ‘বাবা’র কথায় আরও হাসতে লাগলেন এবং ভাবলেন, বাবার কী সরল উদার স্বভাব!
সাংসারিক বিপদে মথুর ঠাকুরের শরণাপন্ন
একদিকে ‘বাবা’র এইরকম বালকভাব! অপর দিকে আবার অন্য জমিদারের সঙ্গে বিবাদে মথুরের হুকুমে লাঠালাঠি ও খুন হয়ে যাওয়ায় বিপদে পড়ে মথুর এসে ‘বাবা’কে ধরলেন, ‘বাবা, রক্ষা কর।’ ‘বাবা’ প্রথমে চটে মথুরকে নানা ভর্ৎসনা করলেন। বললেন, “তুই শালা রোজ একটা হাঙ্গামা বাধিয়ে এসে বলবি ‘রক্ষা কর’! আমি কী করতে পারি রে শালা? যা, নিজে বুঝগে যা; আমি কী জানি?” তারপর মথুরের নির্বন্ধে বললেন, “যাঃ, মার ইচ্ছায় যা হয় হবে।” বাস্তবিকই সে বিপদ কেটে গেল!
ঠাকুরের জন্য কৃপণ মথুরের অজস্র অর্থব্যয়ের দৃষ্টান্ত
ঠাকুরের উভয় ভাবের পরিচায়ক এমন কত দৃষ্টান্তই না বলা যেতে পারে! এই সব দেখে শুনেই মথুরের দৃঢ় ধারণা হয়েছিল, বহুরূপী ‘বাবা’র কৃপাতেই তাঁর যা কিছু—ধন বল, মান বল, প্রতাপ বল, আর যা কিছুই বল। সুতরাং বাবাকে সাক্ষাৎ ঈশ্বরাবতার বলে রাজসম্মান দেওয়া ও অচল ভক্তি-বিশ্বাস রাখা মথুরের পক্ষে বিচিত্র কিছু ছিল না। বিষয়ী লোকের ভক্তির দৌড় ভক্তিভাজনের জন্য অর্থব্যয়েই বোঝা যায়। তার উপর আবার মথুর—সুচতুর, হিসাবি, বুদ্ধিমান বিষয়ী ব্যক্তি সচরাচর যেমন হয়—একটু কৃপণও ছিলেন। কিন্তু ‘বাবা’র জন্য মথুরকে অকাতরে ধনব্যয় করতে দেখে তাঁর ভক্তি-বিশ্বাস যে বাস্তবিকই আন্তরিক ছিল, এ কথা স্পষ্ট বোঝা যায়। ‘বাবা’কে যাত্রা শোনাতে সাজগোজ করিয়ে বসিয়ে, গায়কদের প্যালা বা পুরস্কার দেওয়ার জন্য মথুর তাঁর সামনে দশ দশ টাকার থাক করে একেবারে একশো বা তারও বেশি টাকা সাজিয়ে দিলেন। ‘বাবা’ যাত্রা শুনতে শুনতে কোনো এক হৃদয়স্পর্শী গান বা কথায় যেই মুগ্ধ ও ভাবাবিষ্ট হলেন, অমনি হয়তো সেই সমস্ত টাকাই একেবারে হাত দিয়ে গায়কের দিকে ঠেলে তাকে পুরস্কার দিয়ে ফেললেন! মথুরের এতে বিরক্তি নেই! ‘বাবার যেমন উঁচু মেজাজ, তেমনি তার মতোই প্যালা দেওয়া হয়েছে’, বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন। আবার সেইরকমই টাকা সাজিয়ে দিলেন! ভাবমুখে অবস্থিত ‘বাবা’—যিনি ‘টাকা মাটি, মাটি টাকা’ করে একেবারে লোভশূন্য হয়েছেন—তাঁর সামনে সে টাকা আর কতক্ষণ থাকতে পারে? আবার হয়তো ভাবতরঙ্গের উন্মাদ-বিহ্বলতায় আত্মহারা হয়ে সমস্ত টাকা একসঙ্গে দিয়ে ফেললেন! পরে কাছে টাকা নেই দেখে হয়তো গায়ের শাল ও পরনের বহুমূল্য কাপড় পর্যন্ত খুলে দিলেন, এবং কেবলমাত্র ভাবাম্বর ধারণ করে নিস্পন্দ সমাধিস্থ হয়ে রইলেন! মথুর নিজের টাকা সার্থক হল ভেবে আনন্দে বিভোর হয়ে ‘বাবা’কে বাতাস করতে লাগলেন।
এ বিষয়ের অন্যান্য দৃষ্টান্ত
‘বাবা’র বেলায় কৃপণ মথুরের এরকম উদারতার কতই না দৃষ্টান্ত দেওয়া যায়! মথুর ‘বাবা’কে সঙ্গে নিয়ে ৺কাশী, বৃন্দাবনাদি তীর্থপর্যটনে গিয়ে ‘বাবা’র কথায় ৺কাশীতে ‘কল্পতরু’ হয়ে দান করলেন, দরকারি জিনিস যে যা চাইল, তাকে তা-ই দিলেন! মথুর সে সময়ে ‘বাবা’কে কিছু চাইতে অনুরোধ করলে ‘বাবা’ কিছুরই অভাব খুঁজে পেলেন না! বললেন, “একটি কমণ্ডলু দাও!” ‘বাবা’র ত্যাগ দেখে মথুরের চোখে জল এল।
ঠাকুরের ইচ্ছায় মথুরের বৈদ্যনাথে দরিদ্রসেবা
মথুরের সঙ্গে কাশী বৃন্দাবনাদি তীর্থদর্শনে যাওয়ার পথে ৺বৈদ্যনাথের নিকটবর্তী এক গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে গ্রামবাসীদের দুঃখ-দারিদ্র্য দেখে ‘বাবা’র হৃদয় একেবারে করুণায় পূর্ণ হল। মথুরকে বললেন, “তুমি তো মা-র দেওয়ান; এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও, আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও।” মথুর প্রথমে একটু পিছপা হলেন। বললেন, ‘বাবা, তীর্থে অনেক খরচ হবে, এও দেখছি অনেকগুলি লোক, এদের খাওয়াতে-দাওয়াতে গেলে টাকার অনটন হয়ে পড়তে পারে। এ অবস্থায় কী বলেন?’ সে কথা শুনে কে? বাবার তখন গ্রামবাসীদের দুঃখ দেখে চোখে অনবরত জল পড়ছে, হৃদয়ে অপূর্ব করুণার আবেশ হয়েছে। বললেন, “দূর শালা, তোর কাশী আমি যাব না। আমি এদের কাছেই থাকব; এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না।” এই বলে বালকের মতো গোঁ ধরে দরিদ্রদের মধ্যে গিয়ে বসে পড়লেন! তাঁর এমন করুণা দেখে মথুর তখন কলিকাতা থেকে কাপড় আনিয়ে ‘বাবা’র কথামতো সব কাজ করলেন। ‘বাবা’ও গ্রামবাসীদের আনন্দ দেখে আনন্দে আটখানা হলেন, এবং তাদের কাছে বিদায় নিয়ে হাসতে হাসতে মথুরের সঙ্গে ৺কাশী গেলেন। শুনেছি, অন্য এক সময়ে মথুরের সঙ্গে রাণাঘাটের কাছে তাঁর জমিদারিভুক্ত একটি গ্রামে বেড়াতে গিয়ে, গ্রামবাসীদের দুর্দশা দেখে ঠাকুরের হৃদয়ে আর একবার তেমন করুণার উদয় হয়েছিল এবং তিনি মথুরকে দিয়ে আর একবার সেইরকম অনুষ্ঠান করিয়েছিলেন।
ঠাকুরের সঙ্গে মথুরের সম্বন্ধ দৈবনির্দিষ্ট; ভোগবাসনা ছিল বলে মথুরের পুনর্জন্ম সম্বন্ধে ঠাকুর
গুরুভাবমুখে অবস্থিত ঠাকুর এইভাবে মথুরকে চিরকালের মতো মধুর সম্বন্ধে আবদ্ধ করেছিলেন। সাধনকালে একসময়ে ঠাকুরের মনে সহসা যে অদ্ভুত ভাব উদয় হয়ে তাঁকে দিয়ে শ্রীশ্রীজগদম্বার কাছে প্রার্থনা করিয়েছিল, “মা, আমাকে শুকনো সাধু করিস নি, রসে বশে রাখিস”—মথুরানাথের সঙ্গে এই প্রকার অদৃষ্টপূর্ব সম্বন্ধ তারই এক পরিণত ফল। কারণ, সেই প্রার্থনার ফলেই ৺জগন্মাতা ঠাকুরকে দেখিয়ে দিয়েছিলেন, তাঁর শরীর রক্ষা প্রভৃতি প্রয়োজন মেটানোর জন্য চারজন রসদ্দার তাঁর সঙ্গে পাঠানো হয়েছে এবং মথুরানাথই তাঁদের মধ্যে প্রথম ও অগ্রণী। দৈবনির্দিষ্ট সম্বন্ধ না হলে কি এতকাল এ সম্বন্ধ এমন অক্ষুণ্ণভাবে কখনও থাকতে পারত? হায় পৃথিবী, এমন বিশুদ্ধ মধুর সম্বন্ধ এতকাল কয়টাই বা তুমি নয়নগোচর করেছ! আর বলি, হায় ভোগবাসনা, তুমি কী বজ্রবন্ধনেই না মানবমনকে বেঁধেছ! এই শুদ্ধ-বুদ্ধ-মুক্ত-স্বভাব অহেতুক ভালোবাসার ঘনীভূত প্রতিমা এমন অদ্ভুত ঠাকুরকে দেখে ও তাঁর সঙ্গে সম্বন্ধ পাতিয়ে এখনও আমাদের মন তোমাকে ছেড়েও ছাড়তে চায় না! একজন বন্ধু একদিন ঠাকুরের নিজমুখে মথুরানাথের অপূর্ব কথা শুনতে শুনতে তাঁর মহাভাগ্যের কথা ভেবে স্তম্ভিত ও বিভোর হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, “(মৃত্যুর পর) মথুরের কী হলো, মশায়? তাকে নিশ্চয়ই বোধ হয় আর জন্মগ্রহণ করতে হবে না!” ঠাকুর শুনে উত্তর দিলেন, “কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি! ভোগবাসনা ছিল।” এই বলেই ঠাকুর অন্য কথা পাড়লেন।
[1] ঈশা – (Matthew XXIV – 11, 23, 24, 25, 26).
[2] বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর যে সর্বাঙ্গসম্পূর্ণ উনিশ প্রকার অষ্টসাত্ত্বিক শারীরিক বিকার শ্রীকৃষ্ণপ্রেমে প্রকাশ পেত, যেমন – হাস্য, ক্রন্দন, অশ্রু, কম্প, পুলক, স্বেদ, মূর্ছা ইত্যাদি – বৈষ্ণব-শাস্ত্রে তাকেই মধুরভাব বলা হয়েছে। মধুরভাবের পরাকাষ্ঠাকেই ‘মহাভাব’ বলে। এই মহাভাবেই উনিশ প্রকার শারীরিক বিকার ঈশ্বর-প্রেমে দেখা দেয়। কথিত আছে, জীবের ক্ষেত্রে তা সর্বাঙ্গীণ হওয়া অসম্ভব।
সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টো
মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনং চ।
বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্যো
বেদান্তকৃদ্বেদবিদেব চাহম্॥
– গীতা, ১৫।১৫
গুরুভাব অবতারপুরুষদের নিজস্ব সম্পত্তি
আগেই বলেছি, যিনি গুরু হবার জন্য জন্মগ্রহণ করেছেন, বাল্যকাল থেকেই তাঁর ভিতর সেই ভাবের পরিচয় বেশ পাওয়া যায়। মহাপুরুষ অবতারকুলের তো কথাই নেই। তাঁদের মধ্যে যিনি জনসমাজে যে ভাব প্রতিষ্ঠার জন্য জন্মগ্রহণ করেন, বাল্যকাল থেকেই দেখা যায়, তাঁর মধ্যে যেন সেই ভাব প্রতিষ্ঠিত হয়ে আছে! শরীর-ইন্দ্রিয়াদির পূর্ণতা, দেশকালাদি অবস্থার অনুকূলতা প্রভৃতি কারণগুলি ক্রমে ক্রমে দেখা দিয়ে তাঁদের জীবনে এই ভাব পূর্ণ পরিস্ফুট হতে সাহায্য করতে পারে; কিন্তু সেই সব কারণই যে তাঁদের ভিতর এই ভাবের জন্ম দিয়ে এ জীবনে তাঁদের গুরু করে তোলে, তা নয়। দেখা যায়, এ ভাব যেন তাঁদের নিজস্ব সম্পত্তি, তা নিয়েই তাঁরা যেন জীবন আরম্ভ করেছেন, এবং বর্তমান জীবনে সেই ভাবোৎপত্তির কারণ অনুসন্ধান করলে সহস্র চেষ্টাতেও তা খুঁজে পাওয়া যায় না! ঠাকুরের জীবনে গুরুভাবোৎপত্তির অনুসন্ধান করতে গেলেও ঠিক এরকমই দেখা যায়। বাল্যে দেখো, যৌবনে দেখো, সাধনকালে দেখো, সব সময়েই এই ভাবের কমবেশি বিকাশ তাঁর জীবনে দেখতে পেয়ে অবাক হতে হয়; আর তাঁর জীবনে এই ভাবের প্রথম আরম্ভ কীভাবে হল, এ কথা ভেবেচিন্তে কিছুই স্থির করা যায় না। এখানে বাল্যজীবনের উল্লেখ করে আমাদের পুঁথি বাড়ানোর ইচ্ছা নেই। তবে ঠাকুরের যৌবন এবং সাধনকাল, যে কালের আরম্ভ থেকে শেষ পর্যন্ত মথুরবাবুকে নিয়ে কত প্রকার গুরুভাবের লীলার বিকাশ হয়েছিল, সেই কালেরই অনেক কথা এখনও বলতে বাকি আছে, এবং সেগুলিই এখন পাঠককে উপহার দিলে মন্দ হবে না।
ঠাকুরের বহু গুরুর কাছ থেকে দীক্ষাগ্রহণ
মন্ত্রদাতা গুরু এক হলেও উপগুরু বা শিক্ষাগুরু অনেক করা যেতে পারে—এ বিষয়টি ঠাকুর অনেক সময়ে শ্রীমদ্ভাগবতের অবধূতোপাখ্যানের কথা তুলে আমাদের বোঝাতে চেষ্টা করতেন। ভাগবতে লেখা আছে, সেই অবধূত ক্রমে ক্রমে চব্বিশজন উপগুরুর কাছ থেকে বিশেষ বিশেষ শিক্ষা পর পর লাভ করে সিদ্ধ হয়েছিলেন। ঠাকুরের জীবনেও আমরা এইরকম বিশেষ বিশেষ সাধনোপায় ও সত্যোপলব্ধির জন্য বহু বহু গুরুগ্রহণের অভাব দেখি না। তাঁদের মধ্যে ভৈরবী ব্রাহ্মণী, ‘ল্যাংটা’ তোতাপুরী ও মুসলমান গোবিন্দের নামই আমরা অনেক সময়ে তাঁকে বলতে শুনেছি। অপরাপর হিন্দুসম্প্রদায়ের সাধনোপায়গুলি অন্যান্য গুরুদের কাছ থেকে শিখলেও ঠাকুর তাঁদের নাম বড় একটা উল্লেখ করতেন না। কেবল বলতেন যে, তিনি অন্যান্য গুরুদের কাছ থেকে অন্যান্য মতের সাধন-প্রণালী জেনে নিয়ে মাত্র তিন দিন করে সাধন করেই সেসব মতে সিদ্ধিলাভ করেছিলেন। সেই সব গুরুর নাম ঠাকুরের মনে ছিল না, অথবা বিশেষ উল্লেখযোগ্য নয় বলেই ঠাকুর উল্লেখ করতেন না, তা এখন বলা কঠিন। তবে এটা বোঝা যায় যে, তাঁদের সঙ্গে ঠাকুরের সম্বন্ধও অতি অল্পকালের ছিল। সেজন্য তাঁদের কথা বিশেষ উল্লেখযোগ্য নয়।
ভৈরবী ব্রাহ্মণী বা ‘বামনী’
ঠাকুরের শিক্ষাগুরুদের মধ্যে আবার ভৈরবী ব্রাহ্মণী তাঁর কাছে বহুকাল বাস করেছিলেন। কত কাল, তা ঠিক নির্দিষ্ট করে বলা সুকঠিন, কারণ, ঠাকুরের শ্রীচরণপ্রান্তে আমাদের আশ্রয়গ্রহণের কিছুকাল আগে তিনি দক্ষিণেশ্বর ছেড়ে অন্যত্র চলে যান এবং আর ফিরে আসেননি। এর পরে ঠাকুর তাঁর আর একবার মাত্র সন্ধান পেয়েছিলেন; তখন সেই ব্রাহ্মণী ভৈরবী ৺কাশীধামে দিন কাটাচ্ছিলেন।[1]
‘বামনী’র ঠাকুরকে সহায়তা
ব্রাহ্মণী ভৈরবী যে বহুকাল দক্ষিণেশ্বর কালীবাড়িতে এবং তার নিকটবর্তী গঙ্গাতটে—যেমন, দেবমণ্ডলের ঘাট প্রভৃতি জায়গায়—বাস করেছিলেন, এ কথা আমরা ঠাকুরের শ্রীমুখ থেকে শুনেছি। শুনেছি, ব্রাহ্মণী ঠাকুরকে চৌষট্টিখানা প্রধান প্রধান তন্ত্রে যত কিছু সাধন-প্রণালী আছে, সবই একে একে করিয়েছিলেন। শুনেছি, ব্রাহ্মণী বৈষ্ণবমতের তন্ত্রাদিতেও সুপণ্ডিত ছিলেন; তবে সখীভাব প্রভৃতি সাধনের সময়েও ঠাকুরকে কোনো কোনো ক্ষেত্রে সাহায্য করেছিলেন কি না, তা নিয়ে কোনো কথা স্পষ্ট শুনিনি।[2] শুনেছি যে, সাধনকালে ঠাকুরকে এভাবে সাহায্য করার সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি কয়েক বছর—সবসুদ্ধ ছয় বছরের কিছু বেশি, বহু সম্মানে দক্ষিণেশ্বরে বাস করেছিলেন, এবং সেই সময়ের মধ্যে কখনও কখনও ঠাকুর এবং তাঁর ভাগনে হৃদয়ের সঙ্গে ঠাকুরের জন্মভূমি কামারপুকুর পর্যন্ত গিয়ে তাঁর আত্মীয়দের মধ্যে বাস করে এসেছিলেন। শ্রীশ্রীমাতাঠাকুরানী এই সময় থেকে ব্রাহ্মণীকে নিজের শাশুড়ির মতো সম্মান করতেন এবং মা বলে সম্বোধন করতেন।
‘বামনী’র বৈষ্ণব-তন্ত্রোক্তভাবে অভিজ্ঞতা
ব্রাহ্মণী বৈষ্ণবদের সাধন-প্রণালী অনুসরণ করে সখ্য-বাৎসল্যাদি ভাবের রসও কিছু কিছু নিজের জীবনে অনুভব করেছিলেন। দক্ষিণেশ্বরে দেবমণ্ডলের ঘাটে থাকার সময় তিনি ঠাকুরের প্রতি বাৎসল্যরসে মুগ্ধ হয়ে হাতে ননী নিয়ে নয়নাশ্রুতে বসন ভিজিয়ে ‘গোপাল’ ‘গোপাল’ বলে উচ্চস্বরে ডাকতেন। আর, এদিকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে সহসা ঠাকুরের মন ব্রাহ্মণীকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠত। শুনেছি, তখন তিনি, বালক যেমন জননীর কাছে যায়, তেমনি একছুটে ওই এক মাইল পথ পার হয়ে তাঁর কাছে হাজির হতেন এবং কাছে বসে ননী খেতেন! এ ছাড়া ব্রাহ্মণীও কখনও কখনও কোথা থেকে জোগাড় করে লাল বেনারসী চেলি ও গয়নাগাঁটি পরে পাড়ার স্ত্রীলোকদের সঙ্গে নানারকম খাবারদাবার হাতে নিয়ে গান গাইতে গাইতে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে উপস্থিত হতেন এবং ঠাকুরকে খাইয়ে যেতেন। ঠাকুর বলতেন, তাঁর আলুলায়িত কেশ এবং ভাববিহ্বল অবস্থা দেখে তখন তাঁকে গোপালবিরহে কাতরা নন্দরাণী যশোদা বলেই লোকের মনে হত।
‘বামনী’র রূপ-গুণ দেখে মথুরের সন্দেহ
ব্রাহ্মণী গুণে যেমন, রূপেও তেমনি অসামান্য ছিলেন। ঠাকুরের শ্রীমুখ থেকে শুনেছি, মথুরবাবু প্রথম প্রথম ব্রাহ্মণীর রূপলাবণ্য দেখে এবং তাঁর একাকিনী অসহায় অবস্থায় যেখানে-সেখানে ভ্রমণের কথা শুনে তাঁর চরিত্র সম্বন্ধে সন্দিহান হয়েছিলেন। একদিন নাকি বিদ্রূপচ্ছলে বলেও ফেলেছিলেন, “ভৈরবী, তোমার ভৈরব কোথায়?” ব্রাহ্মণী তখন মা কালীর মন্দির থেকে দর্শনাদি করে বাইরে আসছিলেন। হঠাৎ এরকম প্রশ্ন শুনেও তিনি কিছুমাত্র অপ্রতিভ বা রাগান্বিত না হয়ে প্রথমে স্থিরভাবে মথুরকে নিরীক্ষণ করলেন, পরে শ্রীশ্রীজগদম্বার পদতলে শবরূপে পতিত মহাদেবকে অঙ্গুলিনির্দেশ করে মথুরকে দেখিয়ে দিলেন। সন্দিগ্ধমনা বিষয়ী মথুরও অল্পে ছাড়ার পাত্র ছিলেন না। বললেন, “ও ভৈরব তো অচল।” ব্রাহ্মণী তখন ধীর গম্ভীর স্বরে উত্তর দিলেন, “যদি অচলকে সচল করতেই না পারব, তবে আর ভৈরবী হয়েছি কেন?” ব্রাহ্মণীর এমন ধীর গম্ভীর ভাব ও উত্তরে মথুর লজ্জিত ও অপ্রতিভ হয়ে নির্বাক রইলেন। পরে মথুর দিন দিন ব্রাহ্মণীর উচ্চ প্রকৃতি ও অশেষ গুণের পরিচয় যতই পেতে লাগলেন, ততই তাঁর মনে আর সেই দুষ্ট সন্দেহ রইল না।
‘বামনী’র পূর্বপরিচয়
ঠাকুরের শ্রীমুখে শুনেছি, ব্রাহ্মণী পূর্ববঙ্গের কোনো এক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁকে দেখলেই ‘বড় ঘরের মেয়ে’ বলে সকলের নিঃসংশয় ধারণা হত। বাস্তবিকও তিনি তা-ই ছিলেন। কিন্তু কোন গ্রামে কার ঘর পুত্রীরূপে আলো করেছিলেন, ঘরণীরূপে কারও ঘর কখনও উজ্জ্বল করেছিলেন কি না, এবং প্রৌঢ় বয়সে এভাবে সন্ন্যাসিনী হয়ে দেশ-বিদেশে ভ্রমণ করার ও সংসারে বীতরাগ হওয়ার কারণই বা কী হয়েছিল, তা আমরা ঠাকুরের কাছ থেকে কখনও শুনিনি। আবার এত লেখা-পড়াই বা শিখলেন কোথায় এবং সাধনেই বা এত উন্নতিলাভ কোথায়, কবে করলেন—তা-ও আমাদের কারও কিছুমাত্র জানা নেই।
ব্রাহ্মণী উচ্চদরের সাধিকা
সাধনে যে ব্রাহ্মণী বিশেষ উন্নত হয়েছিলেন, এ কথা আর বলতে হবে না। দৈব যে তাঁকে ঠাকুরের গুরুরূপে মনোনীত করেছিল, তাতেই তাঁর পরিচয় বিশেষভাবে পাওয়া যায়। আবার, ঠাকুরের শ্রীমুখ থেকে আমরা যখন জানতে পেরেছি যে, ব্রাহ্মণী তাঁর কাছে আসার আগেই যোগবলে জানতে পেরেছিলেন যে, জীবৎকালে তাঁকে ঠাকুর-প্রমুখ তিন ব্যক্তিকে সাধনায় সাহায্য করতে হবে, এবং সেই তিন ব্যক্তির সঙ্গে ভিন্ন ভিন্ন দেশে ও কালে দেখা হওয়ামাত্র ব্রাহ্মণী তাঁদের চিনে তা-ই করেছিলেন, তখন আর এ বিষয়ে কিছুমাত্র সন্দেহ থাকে না।
‘বামনী’র যোগলব্ধ দর্শন
ব্রাহ্মণী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতেই চন্দ্র ও গিরিজার কথা তাঁকে বলেছিলেন। বলেছিলেন, “বাবা, তাদের দুজনকে এর পূর্বেই পেয়েছি; আর তোমাকে এতদিন খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম, আজ পেলেম। তাদের সঙ্গে পরে তোমায় দেখা করিয়ে দেব।” বাস্তবিকও পরে ব্রাহ্মণী সেই দুই ব্যক্তিকে দক্ষিণেশ্বরে এনে ঠাকুরের সঙ্গে দেখা করিয়ে দিলেন। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, এঁরা দুজনেই উচ্চদরের সাধক ছিলেন। কিন্তু সাধনার পথে অনেক দূর অগ্রসর হলেও ঈশ্বরের দর্শনলাভে সিদ্ধকাম হতে পারেননি। বিশেষ বিশেষ শক্তি বা সিদ্ধাই লাভ করে পথভ্রষ্ট হতে বসেছিলেন।
ব্রাহ্মণীর শিষ্য চন্দ্রের কথা
ঠাকুর বলতেন, চন্দ্র ভাবুক ঈশ্বরপ্রেমিক ছিলেন। তাঁর ‘গুটিকাসিদ্ধি’-লাভ হয়েছিল। মন্ত্রপূত গুটিকাটি অঙ্গে ধারণ করে তিনি সাধারণ চোখের দৃষ্টিবহির্ভূত বা অদৃশ্য হতে পারতেন, এবং এভাবে অদৃশ্য হয়ে সযত্নে রক্ষিত দুর্গম জায়গাতেও যাতায়াত করতে পারতেন।
সিদ্ধাই যোগভ্রষ্টকারী
কিন্তু ঈশ্বরলাভের আগে ক্ষুদ্র মানব-মন এই প্রকার সিদ্ধাই লাভ করলেই যে অহংকারী হয়ে ওঠে, এবং অহংকারবৃদ্ধিই যে মানুষকে বাসনাজালে জড়িয়ে উচ্চ লক্ষ্যে অগ্রসর হতে দেয় না এবং পরিশেষে তার পতনের কারণ হয়, এ কথা আর বলতে হবে না। অহংকারবৃদ্ধিতেই পাপের বৃদ্ধি এবং তার হ্রাসেই পুণ্যলাভ, অহংকারবৃদ্ধিতেই ধর্মহানি এবং অহংকারনাশেই ধর্মলাভ, স্বার্থপরতাই পাপ এবং স্বার্থনাশই পুণ্য, “আমি মলে ফুরায় জঞ্জাল”—এ কথা ঠাকুর আমাদের বার বার কত প্রকারেই না বোঝাতেন! বলতেন, “ওরে, অহঙ্কারকেই শাস্ত্রে চিজ্জড়গ্রন্থি বলেছে; চিৎ অর্থাৎ জ্ঞানস্বরূপ আত্মা; এবং জড় অর্থাৎ দেহেন্দ্রিয়াদি; ওই অহঙ্কার এতদুভয়কে একত্রে বেঁধে রেখে মানব-মনে ‘আমি দেহেন্দ্রিয়বুদ্ধ্যাদিবিশিষ্ট জীব’—এই ভ্রম স্থির করে রেখেছে। ঐ বিষম গাঁটটা না কাটতে পারলে এগুনো যায় না। ঐটেকে ত্যাগ করতে হবে। আর মা আমাকে দেখিয়ে দিয়েছে, সিদ্ধাইগুলো বিষ্ঠাতুল্য হেয়। ও-সকলে মন দিতে নেই। সাধনায় লাগলে ওগুলো কখনো কখনো আপনা-আপনি এসে উপস্থিত হয়, কিন্তু ওগুলোয় যে মন দেয়, সে ঐখানেই থেকে যায়, ভগবানের দিকে আর এগুতে পারে না।” স্বামী বিবেকানন্দের ধ্যানই জীবনস্বরূপ ছিল; খেতে শুতে বসতে সব সময়েই তিনি ঈশ্বরধ্যানে মন রাখতেন, মনের কতকটা সর্বদা ভিতরে ঈশ্বরের চিন্তায় রাখতেন। ঠাকুর বলতেন, তিনি ‘ধ্যানসিদ্ধ’; ধ্যান করতে করতে সহসা একদিন তাঁর দূরদর্শন ও শ্রবণের (বহু দূরে থাকা লোকেরা কী করছে, বলছে, তা দেখার ও শোনার) ক্ষমতা দেখা দিল! ধ্যান করতে বসে একটু ধ্যান জমলেই মন এমন এক ভূমিতে উঠত যে, তিনি দেখতেন অমুক ব্যক্তি অমুক বাড়িতে বসে অমুক প্রসঙ্গে কথাবার্তা বলছেন! এই দেখেই আবার প্রাণে ইচ্ছা জাগত, যা দেখলাম তা সত্য কি মিথ্যা, জেনে আসি। আর অমনি ধ্যান ছেড়ে তিনি সেই জায়গায় গিয়ে দেখতেন, যা ধ্যানে দেখেছেন তার সবই সত্য, এতটুকু মিথ্যা নয়! কয়েক দিন এরকম হওয়ার পর, তিনি ঠাকুরকে সে কথা বলামাত্র ঠাকুর বললেন, “ও সকল ঈশ্বরলাভ-পথের অন্তরায়। এখন কিছুদিন আর ধ্যান করিসনি।”
সিদ্ধাইলাভে চন্দ্রের পতন
গুটিকাসিদ্ধি পাওয়ার পর চন্দ্রেরও অহংকার বেড়ে উঠেছিল। ঠাকুরের কাছে শুনেছি, চন্দ্রের মনে ক্রমে কাম-কাঞ্চনাসক্তি বেড়ে গেল, এবং তিনি এক অবস্থাপন্ন সম্ভ্রান্ত ধনী ব্যক্তির কন্যার প্রতি আসক্ত হয়ে সেই সিদ্ধাইয়ের প্রভাবেই তার বাড়িতে যাতায়াত করতে লাগলেন; এবং এভাবে অহংকার ও স্বার্থপরতার বৃদ্ধিতে ক্রমে সে সিদ্ধাইও হারিয়ে বসে নানাভাবে লাঞ্ছিত হলেন।
‘বামনী’র শিষ্য গিরিজার কথা
গিরিজারও অদ্ভুত ক্ষমতার কথা ঠাকুর আমাদের বলেছিলেন। বলেছিলেন, একদিন ঠাকুর তাঁর সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়ির নিকটবর্তী শ্রীযুক্ত শম্ভু মল্লিকের বাগানে বেড়াতে গিয়েছিলেন। শম্ভু মল্লিক ঠাকুরকে বড়ই ভালোবাসতেন এবং ঠাকুরের কোনো সেবা করতে পারলে নিজেকে ধন্য জ্ঞান করতেন। শম্ভুবাবু ২৫০ টাকা দিয়ে কালীবাড়ির কাছে কিছু জমি খাজনা করে নিয়ে তার উপর শ্রীশ্রীমাতাঠাকুরানীর থাকার জন্য ঘর করে দিয়েছিলেন। শ্রীশ্রীমাতাঠাকুরানী সে সময়ে গঙ্গাস্নান করতে এবং ঠাকুরকে দেখতে এলে সেই ঘরেই থাকতেন। সেখানে থাকার সময় একবার তিনি কঠিন রক্তামাশয় রোগে আক্রান্ত হলেন; তখন শম্ভুবাবুই চিকিৎসা, পথ্য প্রভৃতি সব বিষয়ের বন্দোবস্ত করে দিলেন। শম্ভুবাবুর ভক্তিমতী পত্নীও ঠাকুর এবং শ্রীশ্রীমাতাঠাকুরানীকে দেবতাজ্ঞানে পূজা করতেন; শ্রীশ্রীমাতাঠাকুরানী সেখানে থাকলে প্রতি জয়মঙ্গলবারে তাঁকে নিয়ে গিয়ে দেবীজ্ঞানে পূজা করতেন। এ ছাড়া শম্ভুবাবু ঠাকুরের কলিকাতায় যাতায়াতের গাড়িভাড়া এবং খাবারদাবারের যখন যা দরকার হত, তা-ই জোগাতেন। অবশ্য মথুরবাবুর শরীরত্যাগের পরেই শম্ভুবাবু ঠাকুরের এইরকম সেবার অধিকার পেয়েছিলেন। শম্ভুকে ঠাকুর নিজের ‘দ্বিতীয় রসদ্দার’ বলতেন এবং সে সময়ে প্রায়ই তাঁর বাগানে বেড়াতে গিয়ে তাঁর সঙ্গে ধর্মালাপে কয়েক ঘণ্টা কাটিয়ে আসতেন।
গিরিজার সিদ্ধাই
গিরিজার সঙ্গে সেদিন শম্ভুবাবুর বাগানে বেড়াতে যাওয়ার পর কথাবার্তায় অনেকক্ষণ কেটে গেল। ঠাকুর বলতেন, “ভক্তদের গাঁজাখোরের মতো স্বভাব হয়! গাঁজাখোর যেমন গাঁজার কল্কেতে ভরপুর এক দম লাগিয়ে কল্কেটা অপরের হাতে দিয়ে ধোঁয়া ছাড়তে থাকে—অপর গাঁজাখোরের হাতে ঐরূপে কল্কেটা না দিতে পারলে যেমন তার একলা নেশা করে সুখ হয় না, ভক্তেরাও সেইরূপ একসঙ্গে জুটলে একজন ঈশ্বরীয় প্রসঙ্গ, ভাবে তন্ময় হয়ে বলে ও আনন্দে চুপ করে এবং অপরকে ঐ কথা বলতে অবসর দেয় ও শুনে আনন্দ পায়।” সেদিন শম্ভুবাবু, গিরিজা ও ঠাকুর একসঙ্গে এভাবে মিলিত হওয়ায় কোথা দিয়ে যে সময় কাটতে লাগল তা কেউই টের পেলেন না। ক্রমে সন্ধ্যা পেরিয়ে এক প্রহর রাত হল, তখন ঠাকুরের ফেরার হুঁশ হল। শম্ভুর কাছ থেকে বিদায় নিয়ে গিরিজার সঙ্গে রাস্তায় এলেন এবং কালীবাড়ির দিকে চলতে লাগলেন। কিন্তু বেজায় অন্ধকার। পথের কিছুই দেখতে না পাওয়ায় প্রতি পদে পদস্খলন ও দিক্ভুল হতে লাগল। অন্ধকারের কথা খেয়াল না করে, ঈশ্বরীয় কথার ঝোঁকে চলে এসেছেন, শম্ভুর কাছ থেকে একটা লণ্ঠন চেয়ে আনতে ভুলে গেছেন—এখন উপায়? কোনোমতে গিরিজার হাত ধরে হাতড়ে চলতে লাগলেন। কিন্তু বেজায় কষ্ট হতে লাগল। তাঁর এমন কষ্ট দেখে গিরিজা বললেন, “দাদা, একবার দাঁড়াও, আমি তোমায় আলো দেখাচ্ছি।” —এই বলে পিছন ফিরে দাঁড়ালেন এবং নিজের পিঠ থেকে জ্যোতির একটা লম্বা ছটা বের করে পথ আলোকিত করলেন! ঠাকুর বলতেন, “সে ছটায় কালীবাড়ির ফটক পর্যন্ত বেশ দেখা যেতে লাগল ও আমি আলোয় আলোয় চলে এলাম।”
গুরুভাবে ঠাকুরের চন্দ্র ও গিরিজার সিদ্ধাই-নাশ
এই কথা বলেই কিন্তু ঠাকুর আবার ঈষৎ হেসে বললেন, “কিন্তু তাদের ওরকম ক্ষমতা আর বেশিদিন রইল না! এখানকার (তাঁর নিজের) সঙ্গে কিছুদিন থাকতে থাকতে ঐসকল সিদ্ধাই চলে গেল!” আমরা এমন হওয়ার কারণ জিজ্ঞাসা করলে বললেন, (নিজের শরীর দেখিয়ে) “মা এর ভেতরে তাদের কল্যাণের জন্য তাদের সিদ্ধাই বা শক্তি আকর্ষণ করে নিলেন। আর ঐরূপ হবার পর তাদের মন আবার ঐসব ছেড়ে ঈশ্বরের দিকে এগিয়ে গেল!”
সিদ্ধাই ভগবানলাভের অন্তরায়; এ বিষয়ে ঠাকুরের ‘পায়ে হেঁটে নদী পারের’ গল্প
এই বলেই ঠাকুর আবার বললেন, “ও-সকলে আছে কী? ও-সব সিদ্ধাইয়ের বন্ধনে পড়ে মন সচ্চিদানন্দ থেকে দূরে চলে যায়। একটা গল্প শোন্—একজনের দুই ছেলে ছিল। বড়র যৌবনেই বৈরাগ্য হলো ও সংসারত্যাগ করে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেল। আর ছোট লেখা-পড়া শিখে ধার্মিক বিদ্বান হয়ে বিবাহ করে সংসারধর্ম করতে লাগল। এখন সন্ন্যাসীদের নিয়ম—বার বৎসর অন্তে, ইচ্ছা হলে একবার জন্মভূমি দর্শন করতে যায়। ঐ সন্ন্যাসীও ঐরূপে বার বৎসর বাদে জন্মভূমি দেখতে আসে এবং ছোট ভায়ের জমি, চাষ-বাস, ধন-ঐশ্বর্য দেখতে দেখতে তার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে তার নাম ধরে ডাকতে লাগল। নাম শুনে ছোট ভাই বাইরে এসে দেখে—তার বড় ভাই! অনেক দিন পরে ভাইয়ের সঙ্গে দেখা—ছোট ভাইয়ের আর আনন্দের সীমা রইল না! দাদাকে প্রণাম করে বাড়িতে এনে বসিয়ে তার সেবাদি করতে লাগল। আহারান্তে দুই ভাইয়ের নানা প্রসঙ্গ হতে লাগল। তখন ছোট বড়কে জিজ্ঞাসা করল, ‘দাদা, তুমি যে এই সংসারের ভোগ-সুখ সব ত্যাগ করে এতদিন সন্ন্যাসী হয়ে ফিরলে, এতে কী লাভ করলে আমাকে বল।’ শুনেই দাদা বললে, ‘দেখবি? তবে আমার সঙ্গে আয়।’ —বলেই ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির নিকটে নদীতীরে এসে উপস্থিত হলো এবং বললে, ‘এই দেখ।’ বলেই নদীর জলের উপর দিয়ে হেঁটে পরপারে চলে গেল! গিয়ে বললে, ‘দেখলি?’ ছোট ভাইও পার্শ্বের খেয়ানৌকায় মাঝিকে আধ পয়সা দিয়ে নদী পেরিয়ে বড় ভায়ের নিকটে গিয়ে বললে, ‘কী দেখলুম?’ বড় বললে, ‘কেন? এই হেঁটে নদী পেরিয়ে আসা?’ তখন ছোট ভাই হেসে বললে, ‘দাদা, তুমিও তো দেখলে—আমি আধ পয়সা দিয়ে এই নদী পেরিয়ে এলুম। তা তুমি এই বার বৎসর এত কষ্ট সয়ে এই পেয়েছ? আমি যা আধ পয়সায় অনায়াসে করি, তাই পেয়েছ? ও ক্ষমতার দাম তো আধ পয়সা মাত্র।’ ছোটর ঐ কথায় বড় ভায়ের তখন চৈতন্য হয় এবং ঈশ্বরলাভে মন দেয়।”
সিদ্ধাইয়ে অহংকার-বৃদ্ধি-বিষয়ে ঠাকুরের ‘হাতী-মরা-বাঁচা’র গল্প
এভাবে কথাচ্ছলে ঠাকুর কত প্রকারেই না আমাদের বোঝাতেন যে, ধর্মজগতে এমন ক্ষুদ্র ক্ষমতালাভ অতি তুচ্ছ, হেয়, অকিঞ্চিৎকর পদার্থ! ঠাকুরের এরকম আর একটি গল্পও আমরা এখানে না দিয়ে থাকতে পারলাম না—“একজন যোগী যোগসাধনায় বাকসিদ্ধি লাভ করেছিল। যাকে যা বলত তাই তৎক্ষণাৎ হতো; এমনকি কাকেও যদি বলত ‘মর্’, তো সে অমনি মরে যেত, আবার যদি তখনি বলত ‘বাঁচ্’, তো তখনি বেঁচে উঠত! একদিন ঐ যোগী পথে যেতে যেতে একজন ভক্ত সাধুকে দেখতে পেলে। দেখলে, তিনি সর্বদা ঈশ্বরের নাম জপ ও ধ্যান কচ্ছেন। শুনলে, ঐ ভক্ত সাধুটি ঐ স্থানে অনেক বৎসর ধরে ঐরূপে তপস্যা কচ্ছেন। দেখে-শুনে অহঙ্কারী যোগী ঐ সাধুটির কাছে গিয়ে বললে, ‘ওহে, এতকাল ধরে তো ‘ভগবান ভগবান’ করচ, কিছু পেলে বলতে পার?’ ভক্ত সাধু বললেন, ‘কী আর পাব বলুন। তাঁকে (ঈশ্বরকে) পাওয়া ছাড়া আমার তো আর অন্য কোন কামনা নেই। আর তাঁকে পাওয়া তাঁর কৃপা না হলে হয় না। তাই পড়ে পড়ে তাঁকে ডাকচি, দীন হীন বলে যদি কোন দিন কৃপা করেন।’ যোগী ঐ কথা শুনেই বললে, ‘যদি না-ই কিছু পেলে, তবে এ পণ্ডশ্রমের আবশ্যক কী? যাতে কিছু পাও তার চেষ্টা কর।’ ভক্ত সাধুটি শুনে চুপ করে রইলেন। পরে বললেন, ‘আচ্ছা মশায়, আপনি কী পেয়েছেন—শুনতে পাই কি?’ যোগী বললে, ‘শুনবে আর কী—এই দেখ।’ এই বলে নিকটে বৃক্ষতলে একটা হাতি বাঁধা ছিল, তাকে বললে, ‘হাতি, তুই মর্।’ অমনি হাতিটা মরে গেল! যোগী দম্ভ করে বললে, ‘দেখলে? আবার দেখ।’ বলেই মরা হাতিটাকে বললে, ‘হাতি, তুই বাঁচ্।’ অমনি হাতিটা বেঁচে পূর্বের ন্যায় গা ঝেড়ে উঠে দাঁড়াল! যোগী বললে, ‘কী হে, দেখলে তো?’ ভক্ত সাধু এতক্ষণ চুপ করে ছিলেন; এখন বললেন, ‘কী আর দেখলুম বলুন—হাতিটা একবার মলো, আবার বাঁচল, কিন্তু বলবেন কি, হাতির ঐরূপ মরা-বাঁচায় আপনার কী এসে গেল? আপনি কি ঐরূপ শক্তিলাভ করে বার বার জন্ম-মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়েছেন? জরা-ব্যাধি কি আপনাকে ত্যাগ করেছে? না, আপনার অখণ্ড-সচ্চিদানন্দস্বরূপ দর্শন হয়েছে?’ যোগী তখন নির্বাক হয়ে রইল এবং তার চৈতন্য হলো।”
চন্দ্র[3] ও গিরিজা এভাবে ভৈরবী ব্রাহ্মণীর সহায়তায় ঈশ্বরীয় পথে অনেকদূর অগ্রসর হলেও সিদ্ধকাম হতে পারেননি। ঠাকুরের জ্বলন্ত দর্শনলাভ করে এবং তাঁর দিব্যশক্তির বলে অহংকারের মূল সেই সব সিদ্ধাইয়ের নাশ হওয়াতেই তাঁদের এ বিষয়ে চৈতন্য হল, এবং তাঁরা দ্বিগুণ উৎসাহে পুনরায় ঈশ্বরীয় পথে অগ্রসর হতে লাগলেন।
‘বামনী’র নির্বিকল্প অদ্বৈতভাব-লাভ হয়নি; সে বিষয়ে প্রমাণ
ভৈরবী ব্রাহ্মণী স্বয়ং সাধনে বহুদূর অগ্রসর হলেও অখণ্ড সচ্চিদানন্দলাভে যে পূর্ণত্বপ্রাপ্ত হননি, তারও পরিচয় আমরা বেশ পাই। বেদান্তের শেষভূমি, নির্বিকল্প অবস্থার অধিকারী ‘ল্যাংটা’ তোতাপুরী যখন ভ্রমণ করতে করতে দক্ষিণেশ্বর-কালীবাড়িতে প্রথম এলেন, তখন ব্রাহ্মণীর সহায়তায় তন্ত্রোক্ত সাধনগুলিতে ঠাকুরের সিদ্ধিলাভ হয়েই গিয়েছিল। তোতাপুরী ঠাকুরকে দেখেই বেদান্তপথের অতি উত্তম অধিকারী বলে চিনতে পেরে যখন তাঁকে সন্ন্যাস-দীক্ষা দিয়ে নির্বিকল্প সমাধিসাধনের উপদেশ দিলেন, তখন ব্রাহ্মণী ঠাকুরকে তা থেকে নিরস্ত করার অনেক চেষ্টা করেছিলেন। বলেছিলেন, “বাবা, (ব্রাহ্মণী ঠাকুরকে পুত্রজ্ঞানে এভাবে সম্বোধন করতেন) ওর কাছে বেশি যাওয়া-আসা করো না, বেশি মেশামেশি করো না; ওদের সব শুষ্ক পথ। ওর সঙ্গে মিশলে তোমার ঈশ্বরীয় ভাব-প্রেম সব নষ্ট হয়ে যাবে।” এ থেকে বেশ অনুমান করা যায় যে, বিদুষী ব্রাহ্মণী ভগবদ্ভক্তিতে অসামান্য হলেও এ কথা জানতেন না বা স্বপ্নেও ভাবেননি যে, বেদান্তোক্ত যে নির্বিকল্প অবস্থাকে তিনি শুষ্কমার্গ বলে উল্লেখ ও ধারণা করেছিলেন, তা-ই যথার্থ পরাভক্তিলাভের প্রথম সোপান—যে, শুদ্ধ-বুদ্ধ আত্মারাম পুরুষেরাই কেবল ঈশ্বরকে সকল প্রকার হেতুশূন্য হয়ে ভক্তিপ্রেম করতে পারেন, এবং ঠাকুর যেমন বলতেন—‘শুদ্ধাভক্তি ও শুদ্ধজ্ঞান—দুই-ই এক পদার্থ।’ আমাদের অনুমান, ব্রাহ্মণী এ কথা বুঝতেন না, এবং বুঝতেন না বলেই ঠাকুর মস্তক মুণ্ডন ও গৈরিক ধারণ করে পুরী স্বামীজীর কাছ থেকে সন্ন্যাসধর্মে দীক্ষা নিয়ে নির্বিকল্প সমাধি-সাধনের সময় নিজ গর্ভধারিণী মাতার কাছে যেমন তা গোপন করেছিলেন, ভৈরবী ব্রাহ্মণীর কাছেও তেমনি সে কথা গোপন রেখেছিলেন। শুনেছি, ঠাকুরের বৃদ্ধা মাতা সেই সময়ে দক্ষিণেশ্বরের উত্তর দিকের নহবতখানার উপরে থাকতেন, এবং ঠাকুর এভাবে বেদান্তসাধনের সময় তিন দিন ঘরের ভিতরে আবদ্ধ থেকে সকলের চোখের অন্তরালে ছিলেন। কেবল পুরী গোস্বামীই সেই সময়ে তাঁর কাছে মধ্যে মধ্যে যাতায়াত করতেন। বলা বাহুল্য, ঠাকুর ব্রাহ্মণীর সে কথায় কর্ণপাতও করেননি।
তন্ত্রোক্ত পশু, বীর ও দিব্যভাব-নির্ণয়
ঠাকুরের মুখে যতদূর শুনেছি, তাতে ভৈরবী ব্রাহ্মণী তন্ত্রোক্ত বীরভাবের উপাসিকা ছিলেন বলেই মনে হয়। তন্ত্রে পশু, বীর ও দিব্য এই তিন ভাবে ঈশ্বরসাধনার পথ নির্দিষ্ট আছে। পশুভাবের সাধকের মধ্যে কাম-ক্রোধাদি পশুভাবের আধিক্য থাকে; সেজন্য তিনি সর্বপ্রকার প্রলোভনের বস্তু থেকে দূরে থাকবেন এবং বাহ্যিক শৌচাচার প্রভৃতির প্রতি বিশেষ লক্ষ রেখে ভগবানের নামজপ, পুরশ্চরণাদিতে প্রবৃত্ত থাকবেন। বীরভাবের সাধকের মধ্যে কাম-ক্রোধাদি পশুভাবের চেয়ে ঈশ্বরানুরাগ প্রবল থাকে। কাম-কাঞ্চন, রূপ-রসাদির আকর্ষণ তাঁর ভিতর ঈশ্বরানুরাগকেই প্রবলতর করে দেয়। সেজন্য তিনি কামকাঞ্চনাদির প্রলোভনের ভিতর বাস করে সেগুলির ঘাত-প্রতিঘাতে অবিচলিত থেকে ঈশ্বরে সমগ্র মন-প্রাণ অর্পণ করতে চেষ্টা করবেন। দিব্যভাবের সাধক কেবলমাত্র তিনিই হতে পারেন, যাঁর মধ্যে ঈশ্বরানুরাগের প্রবল প্রবাহে কাম-ক্রোধাদি একেবারে চিরকালের মতো ভেসে গেছে, এবং নিশ্বাস-প্রশ্বাসের মতো যাঁর মধ্যে ক্ষমার্জব-দয়া-তোষ-সত্যাদি সদ্গুণসমূহের অনুষ্ঠান স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। মোটামুটি বলতে গেলে এই তিন ভাব সম্বন্ধে এ কথাই বলা যায়। বেদান্তোক্ত উত্তম অধিকারীই তন্ত্রোক্ত দিব্যভাবের ভাবুক, মধ্যম অধিকারীই বীরভাবের এবং অধমাধিকারীই পশুভাবের সাধক।
বীর সাধিকা ‘বামনী’ তখনও দিব্যভাবের অধিকারিণী হতে পারেননি
বীরভাবের সাধকাগ্রণী হলেও ভৈরবী ব্রাহ্মণী তখনও দিব্যভাবের অধিকারিণী হতে পারেননি। ঠাকুরের জ্বলন্ত দৃষ্টান্ত দেখে এবং তাঁর সহায়তা পেয়েই ব্রাহ্মণীর মনে ক্রমে দিব্যভাবের বাসনা জেগেছিল। ব্রাহ্মণী দেখলেন—গ্রহণের কথা দূরে থাকুক, সিদ্ধি বা কারণের নাম শুনলেই ঠাকুর জগৎকারণ-ঈশ্বরভাবে বিহ্বল হয়ে পড়েন; সতী বা নটী কোনো স্ত্রীমূর্তি দেখামাত্রই তাঁর মনে শ্রীশ্রীজগদম্বার হ্লাদিনী ও সন্ধিনী শক্তির কথা উদয় হয়ে তাঁর মধ্যে সন্তানভাবই এনে দেয়, এবং কাঞ্চনাদি-ধাতুসংস্পর্শে সুপ্তাবস্থাতেও তাঁর হস্তাদি অঙ্গ সংকুচিত হয়ে যায়! এই জ্বলন্ত পাবকের কাছে থাকলে কার না ঈশ্বরানুরাগ প্রদীপ্ত হয়ে ওঠে? কে না এই দু-দিনের বিষয়-বিভবাদির প্রতি বীতরাগ হয়ে ঈশ্বরকেই আপনার চেয়েও আপন, চিরকালের আত্মীয় বলে ধারণা না করে থাকতে পারে? এজন্যই ব্রাহ্মণী জীবনের অবশিষ্টকাল তীব্র তপস্যায় কাটিয়েছিলেন বলে আমরা শুনতে পাই।
সে বিষয়ে প্রমাণ
ঠাকুর আর কারও সঙ্গে বেশি মেশামেশি করলে বা অন্য কোনো ঈশ্বরভক্ত সাধককে অধিক সম্মান দেখালে ব্রাহ্মণীর মনে হিংসা হত, এ কথাও আমরা ঠাকুরের শ্রীমুখে শুনেছি। ন্যাওটো ছেলে বড় হয়ে বাড়ির আর কাউকে ভালোবাসলে বা আদরযত্ন করলে তার ঠাকুরমা বা অন্য কোনো বৃদ্ধা আত্মীয়ের (যার কাছে সে এতদিন মানুষ হয়ে এসেছে) মনে যেমন ঈর্ষা, দুঃখ ও কষ্ট হয়, ঠাকুরের প্রতি ব্রাহ্মণীর ওই ভাবও যে সেইরকমের ছিল, তা আমরা বেশ বুঝতে পারি! কিন্তু ব্রাহ্মণীর মতো অত উচ্চদরের সাধিকার মনে এমন হওয়া উচিত ছিল না। যিনি ঠাকুরকে খেতে, শুতে, বসতে, দিনরাত চব্বিশ ঘণ্টা এতকাল ধরে সকল অবস্থায় সকল ভাবে দেখার সুযোগ পেয়েছিলেন, তাঁর এমন হওয়া উচিত ছিল না। তাঁর জানা উচিত ছিল যে, ঠাকুরের ভালোবাসা ও শ্রদ্ধাদি অন্যের মতো ‘এই আছে এই নাই’ গোছের ছিল না। তাঁর জানা উচিত ছিল যে, ঠাকুর তাঁর উপর যে ভক্তি-শ্রদ্ধা একবার অর্পণ করেছিলেন, তা চিরকালের মতোই অর্পিত হয়েছিল—তাতে আর জোয়ার-ভাটা খেলত না। কিন্তু হায়, মায়িক ভালোবাসা ও স্ত্রীলোকের মন, তোমরা সর্বদাই ভালোবাসার পাত্রকে চিরকালের মতো বেঁধে নিজস্ব করে রাখতে চাও! এতটুকু স্বাধীনতা তাঁকে দিতে চাও না। তোমরা মনে করো, স্বাধীনতা পেলেই তোমাদের ভালোবাসার পাত্র আর তোমাদের থাকবে না, অন্য কাউকে তোমাদের চেয়ে বেশি ভালোবেসে ফেলবে। তোমরা বোঝো না যে, তোমাদের অন্তরের দুর্বলতাই তোমাদের এরকম করতে শিখিয়ে দেয়। তোমরা বোঝো না যে, যে ভালোবাসা ভালোবাসার পাত্রকে স্বাধীনতা দেয় না—যা নিজেকে সম্পূর্ণভাবে ভুলে সে যা চায় তাতেই আনন্দ পেতে জানে না বা শেখে না, তা প্রায়ই অল্প দিনে বিনষ্ট হয়ে যায়। অতএব যদি যথার্থই কাউকে প্রাণের ভালোবাসা দিয়ে থাকো, তবে নিশ্চিন্ত থেকো, তোমার ভালোবাসার পাত্র তোমারই থাকবে এবং সেই শুদ্ধ স্বার্থসম্পর্কশূন্য ভালোবাসা শুধু তোমাকে নয়, তাকেও চরমে ঈশ্বরদর্শন ও সর্ববন্ধনবিমুক্তি পর্যন্ত এনে দেবে।
ঠাকুরের কৃপায় ব্রাহ্মণীর নিজের আধ্যাত্মিক অভাববোধ ও তপস্যা করতে গমন
ব্রাহ্মণী যে উচ্চদরের প্রেমিক সাধিকা হলেও সেই কথাটি বুঝতেন না, বা বুঝেও ধারণা করতে পারেননি, তা নিতান্ত আশ্চর্যের বিষয় বলে মনে হয়। কিন্তু বাস্তবিকই তাঁর এই ধারণার অভাব ছিল; এবং শ্রীরামকৃষ্ণদেবের গুরুপদে ভাগ্যক্রমে বৃত হওয়ার পর ‘তিনি সবচেয়ে বড়, তাঁর কথা সকলে সর্বদা মেনে চলুক, না চললে তাদের কল্যাণ নেই’—এমন সব ভাবও তাঁর মনে ধীরে ধীরে দেখা দিচ্ছিল। আমরা শুনেছি, ঠাকুর শ্রীশ্রীমাতাঠাকুরানীকে যে কখনও কখনও শিক্ষা দিতেন, তাতেও ব্রাহ্মণী ঈর্ষান্বিত হতেন। শুনেছি, শ্রীশ্রীমাতাঠাকুরানী ব্রাহ্মণীর ওইরকম ভাবপ্রকাশে সর্বদা ভীত, সংকুচিত হয়ে থাকতেন। যা হোক, পরিশেষে ঠাকুরের কৃপায় ব্রাহ্মণী নিজের মনের এই দুর্বলতার কথা বুঝতে পেরেছিলেন। বুঝেছিলেন, এ অবস্থায় ঠাকুরের কাছ থেকে দূরে থাকলে তবেই তিনি তাঁর এই মনোভাব জয় করতে পারবেন; এবং বুঝেছিলেন যে, ঠাকুরের প্রতি তাঁর এমন আকর্ষণ সোনার শিকলে বন্ধনের মতো হলেও, তা পরিত্যাগ করে নিজের অভীষ্ট পথে অগ্রসর হতে হবে। আমরা বেশ বুঝতে পারি, এজন্যই ব্রাহ্মণী পরিশেষে দক্ষিণেশ্বর ও ঠাকুরের সঙ্গ পরিত্যাগ করেছিলেন এবং ‘রম্তা সাধু ও বহ্তা জল কখনো মলিন হয় না’[4] ভেবে অসঙ্গ হয়ে তীর্থে তীর্থে পর্যটন ও তপস্যায় কাল কাটিয়েছিলেন। ঠাকুরের গুরুভাবের সাহায্যেই যে ব্রাহ্মণীর এই প্রকার চৈতন্যের উদয় হয়েছিল, তা আর বলতে হবে না।
তোতাপুরী গোস্বামীর কথা
তোতাপুরী লম্বা-চওড়া সুদীর্ঘ পুরুষ ছিলেন। চল্লিশ বছর ধ্যান-ধারণা এবং অসঙ্গভাবে বাস করার ফলে তিনি নির্বিকল্প সমাধিতে মন স্থির, বৃত্তিমাত্রহীন করতে সমর্থ হয়েছিলেন। তবুও তিনি নিত্য ধ্যানানুষ্ঠানে এবং সমাধিতে অনেকটা সময় কাটাতেন। সর্বদা বালকের মতো উলঙ্গ থাকতেন বলে ঠাকুর তাঁকে ‘ল্যাংটা’ নামে উল্লেখ করতেন। বিশেষত আবার গুরুর নাম সর্বদা নিতে নেই, বা নাম ধরে তাঁকে ডাকতে নেই বলেই বোধ হয় এমন করতেন। ঠাকুর বলতেন, ল্যাংটা কখনও ঘরের ভিতর থাকতেন না এবং নাগাসম্প্রদায়ভুক্ত ছিলেন বলে সর্বদা অগ্নিসেবা করতেন! নাগা সাধুরা অগ্নিকে মহা পবিত্র চোখে দেখে; এবং সেজন্য যেখানেই যখন থাকুক না কেন, কাঠ জোগাড় করে কাছে অগ্নি জ্বালিয়ে রাখে। এই অগ্নি সচরাচর ‘ধুনি’ নামে অভিহিত হয়। নাগা সাধু ধুনিকে সকাল সন্ধ্যা আরতি করে এবং ভিক্ষালব্ধ সমস্ত আহার্য প্রথমে ধুনিরূপী অগ্নিকে নিবেদন করে তবে নিজে খায়। সেজন্য ‘ল্যাংটা’ দক্ষিণেশ্বরে যতদিন ছিলেন, পঞ্চবটীর গাছতলাতেই আসন পেতে থাকতেন এবং পাশে ধুনি জ্বালিয়ে রাখতেন। রোদ হোক, বর্ষা হোক ‘ল্যাংটা’র ধুনি সমানভাবেই জ্বলত। আহার বলো, শয়ন বলো ‘ল্যাংটা’ সেই ধুনির ধারেই করতেন। আর যখন গভীর নিশীথে সমগ্র বাহ্যজগৎ বিরামদায়িনী নিদ্রার কোলে সকল চিন্তা ভুলে মায়ের কোলে শিশুর মতো সুখে শুয়ে থাকত, ‘ল্যাংটা’ তখন উঠে ধুনি আরও উজ্জ্বল করে অচল অটল সুমেরুবৎ আসনে বসে নিবাত-নিষ্কম্প প্রদীপের মতো স্থির মনকে সমাধিমগ্ন করতেন। দিনের বেলাতেও ‘ল্যাংটা’ অনেক সময় ধ্যান করতেন। কিন্তু লোকে জানতে না পারে এমনভাবে করতেন। সেজন্য অনেক সময় দেখা যেত, ‘ল্যাংটা’ গায়ের চাদরে আপাদমস্তক ঢেকে ধুনির ধারে শবের মতো লম্বা হয়ে শুয়ে আছেন। লোকে ভাবত, ‘ল্যাংটা’ ঘুমোচ্ছেন।
ঠাকুর ও পুরী গোস্বামীর পরস্পর ভাব-আদান-প্রদানের কথা
‘ল্যাংটা’ নিজের কাছে শুধু একটি জলপাত্র বা ‘লোটা’, একটি লম্বা চিমটা এবং আসন করে বসার জন্য এক টুকরো চামড়া রাখতেন এবং একখানি মোটা চাদরে সর্বদা দেহ ঢেকে থাকতেন। লোটা ও চিমটাটি ‘ল্যাংটা’ নিত্য মেজে ঝকঝকে রাখতেন। ‘ল্যাংটা’র এরকম নিত্য ধ্যানানুষ্ঠান দেখে ঠাকুর একদিন তাঁকে জিজ্ঞাসাই করে বসলেন, ‘তোমার তো ব্রহ্মলাভ হয়েছে, সিদ্ধ হয়েছ, তবে কেন আবার নিত্য ধ্যানাভ্যাস কর?’ ‘ল্যাংটা’ তা শুনে ধীরভাবে ঠাকুরের দিকে তাকালেন এবং অঙ্গুলিনির্দেশ করে লোটাটি দেখিয়ে বললেন, ‘কেমন উজ্জ্বল দেখছ? আর যদি নিত্য না মাজি? —মলিন হয়ে যাবে না? মনও সেইরূপ জানবে। ধ্যানাভ্যাস করে মনকেও ঐরূপে নিত্য না মেজে-ঘষে রাখলে মলিন হয়ে পড়ে।’ তীক্ষ্ণদৃষ্টিসম্পন্ন ঠাকুর ‘ল্যাংটা’ গুরুর কথা মেনে নিয়ে বললেন, “কিন্তু যদি সোনার লোটা হয়? তাহলে তো আর নিত্য না মাজলেও ময়লা ধরে না।” ‘ল্যাংটা’ হেসে স্বীকার করলেন, ‘হাঁ, তা বটে।’ নিত্য ধ্যানাভ্যাসের উপকারিতা সম্বন্ধে ‘ল্যাংটা’র কথাগুলি ঠাকুরের চিরকাল মনে ছিল এবং বহুবার তিনি সে কথা ‘ল্যাংটা’র নাম করে আমাদের কাছে বলেছিলেন। আর আমাদের ধারণা—ঠাকুরের ‘সোনার লোটায় ময়লা ধরে না’, কথাটি ‘ল্যাংটা’র মনেও চিরাঙ্কিত হয়ে গিয়েছিল। ‘ল্যাংটা’ বুঝেছিলেন, ঠাকুরের মন বাস্তবিকই সোনার লোটার মতো উজ্জ্বল! এঁদের ভিতরে গুরু-শিষ্যে এমন আদান-প্রদান প্রথম থেকেই চলত।
ব্রহ্মজ্ঞ পুরুষের নির্ভীকতা ও বন্ধনবিমুক্তি সম্বন্ধে শাস্ত্র
বেদান্তশাস্ত্রে আছে, ব্রহ্মজ্ঞান হলেই মানুষ একেবারে ভয়শূন্য হয়। সম্পূর্ণ অভীঃ হওয়ার তা-ই একমাত্র পথ। বাস্তবিকই তাই। যিনি জানতে পারেন যে, তিনি স্বয়ং নিত্য-শুদ্ধ-বুদ্ধ-স্বভাব, অখণ্ড সচ্চিদানন্দস্বরূপ সর্বব্যাপী অজরামর আত্মা, তাঁর মনে ভয় কিসে, কার থেকেই বা হবে? যিনি সত্য সত্যই দেখতে পান, সর্বদা প্রাণে প্রাণে অনুভব করেন যে, এক ছাড়া দ্বিতীয় বস্তু বা ব্যক্তি জগতে নেই, তাঁর ভয় কী করে, কোথায়ই বা হবে? খেতে, শুতে, বসতে, নিদ্রায়, জাগরণে, সর্বাবস্থায়, সকল সময়ে তিনি দেখেন—তিনি অখণ্ড সচ্চিদানন্দস্বরূপ; সকলের ভিতর, সর্বত্র, সর্বদা তিনি পূর্ণ হয়ে আছেন; তাঁর আহার নেই, বিহার নেই, নিদ্রা নেই, জাগরণ নেই, অভাব নেই, আলস্য নেই, শোক নেই, হর্ষ নেই, জন্ম নেই, মৃত্যু নেই, অতীত নেই, ভবিষ্যৎ নেই—মানুষ পঞ্চেন্দ্রিয় ও মন-বুদ্ধির সাহায্যে যা কিছু দেখে, শোনে, চিন্তা বা কল্পনা করে, তার কিছুই নেই। এই প্রকার অনুভবকেই শাস্ত্র ‘নেতি নেতি’র বিরামাবস্থা বলে বর্ণনা করেছেন এবং এরই পরে পূর্ণস্বরূপ আত্মার অবস্থান ও প্রত্যক্ষদর্শনের কথা বলেছেন। এই আত্মদর্শন সদা-সর্বক্ষণ হওয়ার নামই ‘জ্ঞানে অবস্থান’, এবং এই প্রকার জ্ঞানে অবস্থান হলেই সর্ববন্ধনবিমুক্তি আসে। ঠাকুর বলতেন, এই প্রকার জ্ঞানে অবস্থান সম্পূর্ণ হলে জীবের শরীর মাত্র একুশ দিন থাকার পর শুকনো পাতার মতো পড়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং সে আর এ সংসারে অহং-জ্ঞান নিয়ে ফিরে আসে না। জীবন্মুক্ত পুরুষদের অল্প সময়ের জন্য মধ্যে মধ্যে এই জ্ঞানে অবস্থান ও আত্মার দর্শন হতে হতে পরিশেষে পূর্ণ অবস্থান ও দর্শন আসে। আর নিত্যমুক্ত ঈশ্বরকোটি পুরুষ, যাঁরা কোনো এক বিশেষ সত্যের প্রতিষ্ঠা করে বহুজনের কল্যাণসাধন করতেই জগতে জন্মগ্রহণ করেন, তাঁরাও বাল্যকাল থেকে মধ্যে মধ্যে অল্প সময়ের জন্য এই জ্ঞানে অবস্থান করেন এবং যে কর্মের জন্য এসেছেন, সেই কর্ম শেষ হলে পরিশেষে সম্পূর্ণভাবে জ্ঞানস্বরূপে অবস্থান করেন। আবার, যাঁদের অলৌকিক আধ্যাত্মিক শক্তি দেখে জগৎ এ পর্যন্ত ধারণা করতে পারেনি, তাঁরা ঈশ্বর স্বয়ং মানব-কল্যাণের জন্য মূর্তিপরিগ্রহ করে এসেছেন, না অত্যদ্ভুত শক্তিসম্পন্ন মানুষ—সেই অবতারপুরুষেরা এই পূর্ণ জ্ঞানাবস্থায় বাল্যকাল থেকে ইচ্ছা করামাত্র উঠতে, যতকাল ইচ্ছা থাকতে এবং পুনরায় ইচ্ছামতো লোক-কল্যাণের জন্য জন্ম-জরা-শোক-হর্ষাদির মিলনভূমি সংসারে আসতে পারেন।
তোতাপুরীর উচ্চ অবস্থা
ঠাকুরের শিক্ষাগুরু শ্রীমৎ তোতাপুরী গোস্বামী চল্লিশ বছর কঠোর সাধনের ফলে পূর্বোক্ত জীবন্মুক্তাবস্থা লাভ করেছিলেন এবং সেজন্য তাঁর আহার-বিহার, শোয়া-বসা প্রভৃতি সব কাজই সাধারণ মানুষের মতো ছিল না। নিত্যমুক্ত বায়ুর মতো তিনি বাধাশূন্য হয়ে যত্র তত্র বিচরণ করে বেড়াতেন; বায়ুর মতোই তাঁকে সংসারের দোষ-গুণ কখনও স্পর্শ করতে পারত না এবং বায়ুর মতোই তিনি কখনও এক জায়গায় আবদ্ধ হয়ে থাকতে পারতেন না। কারণ ঠাকুরের কাছে শুনেছি, তোতা তিন দিনের বেশি কোথাও থাকতে পারতেন না। ঠাকুরের অদ্ভুত আকর্ষণে কিন্তু তোতা দক্ষিণেশ্বরে একাদিক্রমে এগারো মাস থাকতে বাধ্য হয়েছিলেন। ঠাকুরের কী অদ্ভুত মোহিনীশক্তিই ছিল!
তোতার নির্ভীকতা—ভৈরব-দর্শনে
তোতার নির্ভীকতা সম্বন্ধে ঠাকুর অনেক কথা আমাদের বলেছিলেন। তার মধ্যে একটি ভুতুড়ে ঘটনার কথাও বলেছিলেন, তা এই—গভীর নিশীথে তোতা একদিন ধুনি উজ্জ্বল করে ধ্যানে বসার উপক্রম করছেন; জগৎ নীরব; নিস্তব্ধ; ঝিঁঝিঁর রব ও মধ্যে মধ্যে মন্দির-চূড়ায় থাকা পেঁচার গম্ভীর ডাক ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না। বায়ুরও সঞ্চার নেই। সহসা পঞ্চবটীর গাছের ডালপালা আলোড়িত হতে লাগল এবং দীর্ঘাকার মানবাকৃতি এক পুরুষ গাছের উপর থেকে নিচে নেমে তোতার দিকে স্থির দৃষ্টিতে দেখতে দেখতে ধীর পদবিক্ষেপে পুরী গোস্বামীর ধুনির পাশে এসে বসলেন। ‘ল্যাংটা’ নিজেরই মতো উলঙ্গ সেই পুরুষপ্রবরকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ‘কে তুমি?’ পুরুষ উত্তর দিলেন, ‘আমি দেবযোনি, ভৈরব; এই দেবস্থানরক্ষার নিমিত্ত বৃক্ষোপরি অবস্থান করি।’ ‘ল্যাংটা’ কিছুমাত্র ভীত না হয়ে বললেন, ‘উত্তম কথা, তুমিও যা, আমিও তাই; তুমিও ব্রহ্মের এক প্রকাশ, আমিও তাই; এস, বস, ধ্যান কর।’ পুরুষ হেসে বাতাসে যেন মিলিয়ে গেলেন! ‘ল্যাংটা’ও এই ঘটনায় কিছুমাত্র বিচলিত না হয়ে ধ্যানে মনোনিবেশ করলেন। পরদিন সকালে ‘ল্যাংটা’ ঠাকুরকে সেই ঘটনার কথা বললেন। ঠাকুরও শুনে বললেন, “হাঁ, উনি ওইখানে থাকেন বটে; আমিও ওঁর দর্শন অনেকবার পেয়েছি। কখনো কখনো কোন ভবিষ্যৎ ঘটনার বিষয়ও উনি আমাকে বলে দিয়েছেন। কোম্পানি, বারুদখানার (Powder Magazine) জন্য পঞ্চবটীর সমস্ত জমিটি একবার নেবার চেষ্টা করে। আমার তাই শুনে বিষম ভাবনা হয়েছিল; সংসারের কোলাহল থেকে দূরে নির্জন স্থানটিতে বসে মাকে ডাকি, তা আর হবে না—সেইজন্য! মথুর তো রানী রাসমণির তরফ থেকে কোম্পানির সঙ্গে খুব মামলা লাগিয়ে দিলে, যাতে কোম্পানি জমিটি না নেয়! সেই সময়ে একদিন ঐ ভৈরব গাছে বসে আছেন দেখতে পাই; আমাকে সঙ্কেতে বলেছিলেন, ‘কোম্পানি জায়গা নিতে পারবে না; মামলায় হেরে যাবে।’ বাস্তবিকও তাই হলো!”
তোতাপুরীর গুরুর কথা
‘ল্যাংটা’র জন্মস্থান পশ্চিমের কোন জায়গায় ছিল, ঠাকুরের কাছে সে সম্বন্ধে আমরা কিছু শুনিনি। ঠাকুরও হয়তো এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করার কোনো আবশ্যকতা বোধ করেননি। বিশেষত, আবার আগের নাম-ধাম-গোত্রাদি বিষয়ে জিজ্ঞাসা করলে সন্ন্যাসীরা সেগুলির উল্লেখ করেন না; বলেন, ‘সন্ন্যাসীকে এসব বিষয়ে প্রশ্ন করা এবং সন্ন্যাসীর সে বিষয়ে উত্তর দেওয়া—উভয়ই শাস্ত্র-নিষিদ্ধ!’ ঠাকুর হয়তো সেইজন্যই এ প্রশ্ন ‘ল্যাংটা’কে কখনও করেননি। তবে বেলুড় মঠবাসী ঠাকুরের সন্ন্যাসী শিষ্যেরা ঠাকুরের দেহান্তের পর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে পরিভ্রমণের সময় প্রাচীন সন্ন্যাসী পরমহংসদের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলেন যে, সম্ভবত পুরী গোস্বামী পঞ্জাব প্রদেশের নিকটবর্তী কোনো এক জায়গার লোক ছিলেন। তাঁর গুরুস্থান বা গুরুর আবাস কুরুক্ষেত্রের কাছে লুধিয়ানা নামে এক জায়গায় ছিল। তাঁর গুরুও একজন বিখ্যাত যোগীপুরুষ ছিলেন এবং সেখানে একটি মঠ স্থাপন করেছিলেন। এই মঠটি তিনি নিজে স্থাপন করেছিলেন বা তাঁর গুরুর গুরু কেউ স্থাপন করেছিলেন, সে বিষয়ে ঠিক জানা যায়নি। তবে শ্রীমৎ তোতাপুরীর গুরু যে ওই মঠের মোহন্ত হয়েছিলেন এবং তাঁর সম্মানে এখনও যে সেখানে বছর বছর চারপাশের গ্রামবাসীদের একটি মেলা হয়, সে কথা প্রাচীন সাধুরা তাঁদের বলেছিলেন। তিনি তামাক খেতেন বলে গ্রামবাসীরা মেলার সময় তামাক এনে এখনও তাঁর ‘সমাজে’ উপহার দেয়। গুরুর দেহান্তের পর শ্রীমৎ তোতাপুরীই সেই মঠের মোহন্তপদে প্রতিষ্ঠিত হয়েছিলেন।
নিজ গুরুর মঠ ও মণ্ডলীসম্বন্ধে তোতাপুরীর কথা
শ্রীমৎ তোতাপুরীর নিজের কথাতেও মনে হয়, তিনি সন্ন্যাসিমণ্ডলীর অধীশ্বর নিজ গুরুর কাছে বাল্যেই বেদান্ত-শাস্ত্রের উপদেশ পেয়েছিলেন এবং বহুকাল তাঁর অধীনে বাস করে স্বাধ্যায়রত ছিলেন ও সাধনরহস্য অবগত হয়েছিলেন! কারণ, ঠাকুরকে তিনি বলেছিলেন, তাঁর মণ্ডলীতে সাতশো সন্ন্যাসী বাস করত এবং গুরুর আদেশমতো বেদান্তনিহিত সত্যগুলি জীবনে অনুভব করার জন্য ধ্যানাদি নিত্যানুষ্ঠান করত। সেই মণ্ডলীতে ধ্যান-শিক্ষাদি দেওয়াও যে বড় সুন্দর প্রণালীতে হত, এ বিষয়েও ‘ল্যাংটা’ ঠাকুরকে কিছু কিছু আভাস দিয়েছিলেন। ঠাকুর সে কথা অনেক সময় আমাদের কাছে গল্প বা উপদেশের ছলে বলতেন। বলতেন, “ল্যাংটা বলত, তাদের দলে সাত শত ল্যাংটা ছিল। যারা প্রথম ধ্যান শিখতে আরম্ভ করচে, তাদের গদির উপর বসিয়ে ধ্যান করাত। কেন না, কঠিন আসনে বসে ধ্যান করলে পা টনটন করবে; আর ঐ টনটনানিতে অনভ্যস্ত মন ঈশ্বরে না গিয়ে শরীরের দিকে এসে পড়বে। তারপর তার যত ধ্যান জমত ততই তাকে কঠিন হতে কঠিনতর আসনে বসে ধ্যান করতে দেওয়া হতো। শেষকালে শুধু চর্মাসন ও খালি মাটিতে পর্যন্ত বসে তাকে ধ্যান করতে হতো। আহারাদি সকল বিষয়েও ঐরূপ নিয়মে অভ্যাস করাত। পরিধানেও শিষ্যদের সকলকে ক্রমে ক্রমে উলঙ্গ হয়ে থাকতে অভ্যাস করানো হতো। লজ্জা, ঘৃণা, ভয়, জাত, কুল, শীল, মান ইত্যাদি অষ্টপাশে মানুষ জন্মাবধি বদ্ধ আছে কিনা? এক এক করে সেগুলোকে সব ত্যাগ করতে শিক্ষা দেওয়া হতো। তারপর ধ্যানাদিতে মন পাকা হয়ে বসলে তাকে প্রথম অপর সাধুদের সঙ্গে, তারপর একা একা, তীর্থে তীর্থে ঘুরে বেড়িয়ে আসতে হতো। ল্যাংটাদের এই রকম সব নিয়ম ছিল।” সেই মণ্ডলীর মোহন্ত-নির্বাচনের প্রথার কথাও ঠাকুর পুরীজীর কাছে শুনেছিলেন। প্রসঙ্গক্রমে এ সম্বন্ধে একদিন আমাদের এভাবে বলেছিলেন, “ল্যাংটাদের ভেতর যার ঠিক ঠিক পরমহংস অবস্থা হয়েছে দেখত, গদি খালি হলে তাকেই সকলে মিলে মোহন্ত করে ঐ গদিতে বসাত। তা না হলে টাকা, মান, ক্ষমতা হাতে পড়ে ঠিক থাকতে পারবে কী করে? মাথা বিগড়ে যাবে যে? সেজন্য যার মন থেকে কাঞ্চন ঠিক ঠিক ত্যাগ হয়েছে দেখত, তাকেই গদিতে বসিয়ে টাকা-কড়ির ভার দিত। কেন না, সে-ই ঐ টাকা দেবতা ও সাধুদের সেবায় ঠিক ঠিক খরচ করতে পারবে।”
তোতাপুরীর পূর্ব পরিচয়
পুরী গোস্বামীর এই সব কথায় বেশ বোঝা যায়, তিনি ছেলেবেলা থেকে সংসারের মায়া-মোহ-ঈর্ষা-দ্বেষাদি থেকে দূরে যেন এক স্বর্গীয় রাজ্যে গুরুর স্নেহে লালিত-পালিত হয়েছিলেন। উত্তর-পশ্চিমাঞ্চলে প্রথা আছে যে, যে দম্পতির যথাসময়ে সন্তান জন্মায় না, তাঁরা দেবস্থানে কামনা করেন যে, তাঁদের প্রণয়ের প্রথম ফলস্বরূপ সন্তানকে সন্ন্যাসী করে ঈশ্বরের সেবায় অর্পণ করবেন, এবং কাজেও তা-ই পালন করেন। পুরী গোস্বামী কি এভাবে গুরুর কাছে অর্পিত হয়েছিলেন? কে বলবে! তবে তিনি তাঁর পূর্বাশ্রমের পিতা-মাতা, ভ্রাতা-ভগ্নী প্রভৃতির কোনো কথা ঠাকুরের কাছে কখনও উল্লেখ করেননি বলে তেমনটাই অনুমান করা যায়।
তোতাপুরীর মন
পূর্বকৃত পুণ্যসংস্কারের ফলে গোস্বামীজীর মনটিও তেমনি সরলবিশ্বাসী ও শ্রদ্ধাসম্পন্ন ছিল। আচার্য শঙ্কর তাঁর লেখা ‘বিবেকচূড়ামণি’ গ্রন্থের শুরুতেই বলেছেন, ‘জগতে মনুষ্যত্ব, ঈশ্বরলাভেচ্ছা এবং সদ্গুরুর আশ্রয়—এই তিন বস্তু একসঙ্গে লাভ করা বড়ই দুর্লভ; ভগবানের অনুগ্রহ ছাড়া হয় না।’ পুরী গোস্বামী শুধু যে এই তিন পদার্থ ভাগ্যক্রমে একসঙ্গে পেয়েছিলেন তা নয়, সেগুলির যথাযথ ব্যবহারের সুযোগ পেয়ে মানবজীবনের চরমোদ্দেশ্য মুক্তিলাভ করতেও পেরেছিলেন। তাঁর গুরু তাঁকে যেমন যেমন উপদেশ দিতেন, তাঁর মনও ঠিক ঠিক তা ধারণা করে সর্বদা কাজে পরিণত করত। মনের জুয়াচুরি ভণ্ডামিতে তাঁকে কখনও বেশি ভুগতে হয়েছিল বলে বোধ হয় না। বৈষ্ণবদের মধ্যে একটি কথা আছে –
“গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হল।
একের দয়া বিনে জীব ছারেখারে গেল।”
– ‘একের’ অর্থাৎ নিজের মনের দয়া না হওয়ায় জীব বিনষ্ট হল। পুরী গোস্বামীকে এমন পাজি মনের হাতে পড়ে কখনও ভুগতে হয়েছিল বলে বোধ হয় না। তাঁর সরল মন সরলভাবে ঈশ্বরে বিশ্বাস রেখে গুরুনির্দিষ্ট গন্তব্য পথে ধীরপদে অগ্রসর হয়েছিল, যেতে যেতে একবারও পিছনে সংসারের পাপ-প্রলোভনাদির দিকে অতৃপ্ত লালসার কটাক্ষপাত করেনি। কাজেই গোসাঁইজী নিজের পুরুষকার, উদ্যম, আত্মনির্ভরতা ও প্রত্যয়কেই সর্বেসর্বা বলে জেনেছিলেন। মন বেঁকে দাঁড়ালে সেই পুরুষকার যে প্রবল প্রবাহের মুখে তৃণগুচ্ছের মতো কোথায় ভেসে যায়, এই আত্মনির্ভর ও আত্মপ্রত্যয়ের জায়গায় যে নিজের ক্ষমতার উপর ঘোর অবিশ্বাস এসে জীবকে সামান্য কীটের চেয়ে দুর্বল করে তোলে—এ কথা গোসাঁইজী জানতেন না। ঈশ্বরকৃপায় বহির্জগতের সহস্র বিষয়ের অনুকূলতা না পেলে জীবের শত-সহস্র উদ্যম যে আশানুরূপ ফল প্রসব না করে বিপরীত ফলই প্রসব করতে থাকে এবং তাকে বন্ধনের উপর আরও ঘোরতর বন্ধন এনে দেয়, পুরী গোস্বামী নিজের জীবনের দিকে তাকিয়ে এ কথা কখনও স্বপ্নেও ভাবেননি। কেনই বা ভাববেন? আজন্ম তিনি যখনই যা ধরেছেন, তখনই তা করতে পেরেছেন; যখনই যা মানুষের কল্যাণকর বলে বুঝেছেন, তখনই তা নিজের জীবনে কাজে পরিণত করতে পেরেছেন। কাজেই ‘মন বুঝেছে, প্রাণ বুঝে না’ এমন একটা অবস্থা যে মানুষের হতে পারে, ‘মন মুখ এক’ করতে না পেরে সে যে শত বৃশ্চিকের দংশনজ্বালা ভিতরে নিরন্তর অনুভব করতে পারে, মনের ভিতরের সহস্রটা কর্তা এবং শরীরের প্রত্যেক ইন্দ্রিয়টা যে স্ব স্ব প্রধান হয়ে, কেউ কারও কথা না মেনে, তাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে, হতাশার অন্ধতামিস্রে ফেলে ঘোর যন্ত্রণা দিতে পারে—এ কথা গোসাঁইজী কখনও কল্পনায়ও এনেছিলেন কি না সন্দেহ। অথবা আনতে পারলেও শুনে শেখা, দেখে শেখা ও ঠেকে শেখার মধ্যে অনেক তফাত। কাজেই মানুষের এই অবস্থার যে ছবি পুরী গোস্বামীর মনে ছিল, আর যে এভাবে বাস্তবিক নিরন্তর ভুগছে তার মনের ছবি—এ দুয়ের মধ্যে তেমনই আকাশ-পাতাল প্রভেদ ছিল। পুরী গোস্বামী সেজন্য পরমেশ-শক্তি অনাদ্যবিদ্যা মায়ার দুরন্ত প্রভাব সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞই ছিলেন; এবং সেজন্য দুর্বল মানবমনের কার্যকলাপকে তিনি কঠোর দ্বেষ-দৃষ্টিতে না দেখে কখনও করুণার চোখে দেখতে পেরেছিলেন কি না সন্দেহ। ঠাকুরের গুরুভাবের সংস্পর্শে এসেই তাঁর এই অভাব দূর হল এবং তিনি পরিশেষে মায়ার শক্তি মেনে, ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ জেনে ভক্তিপূর্ণ হৃদয়ে অবনত মস্তকে দক্ষিণেশ্বর-কালীবাড়ি থেকে বিদায়গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। আমরা এখন সেই কথাই বলতে আরম্ভ করব।
তোতাপুরীর ভক্তিমার্গে অনভিজ্ঞতা
ব্রাহ্মণী ভৈরবী ঠাকুরকে যেমন বলেছিলেন, আকুমার ব্রহ্মচারী কঠোর যতি তোতার বাস্তবিকই ধারণা ছিল, ভগবদ্ভক্তিমার্গ একটা কিম্ভূতকিমাকার পথ। ভক্তি-ভালোবাসা যে মানুষকে ভালোবাসার পাত্রের জন্য সংসারের সব বিষয়, এমনকি আত্মতৃপ্তি পর্যন্ত ধীরে ধীরে ত্যাগ করতে শিখিয়ে চরমে ঈশ্বর-দর্শন এনে দেয়, যথার্থ ভক্তসাধক যে ভক্তির চরম পরিণতিতে শুদ্ধাদ্বৈতজ্ঞানেরও অধিকারী হন এবং সেজন্য তাঁরও সাধনসহায় জপ-কীর্তন-ভজনাদি যে উপেক্ষার বিষয় নয়—এ কথা তোতা বুঝতেন না। না বুঝে গোসাঁইজী ভক্তের ভাববিহ্বল আচরণকে সময়ে সময়ে বিদ্রূপ করতেও ছাড়তেন না। অবশ্য এ কথায় পাঠক যেন বুঝে না বসেন যে, পুরী গোস্বামী এক প্রকার নাস্তিক গোছের ছিলেন বা তাঁর ঈশ্বরানুরাগ ছিল না। শমদমাদি-সম্পত্তি যাঁর সহায়, সেই শান্তপ্রকৃতি গোসাঁইজী স্বয়ং ভক্তির শান্তভাবের পথিক ছিলেন এবং অন্যের এই ভাবের ঈশ্বরভক্তিই বুঝতে পারতেন। কিন্তু কল্পনার সাহায্যে জগৎকর্তা মহান ঈশ্বরকে নিজের সখা, পুত্র, স্ত্রী বা স্বামিভাবে ভজনা করেও সাধক যে তাঁর দিকে দ্রুতপদে অগ্রসর হতে পারে, এ কথা পুরীজীর মাথায় কখনও ঢোকেনি। এমন ভক্তের নিজের ভাবের প্রেরণায় ঈশ্বরের প্রতি আবদার-অনুরোধ, তাঁকে নিয়ে বিরহ, ব্যাকুলতা, অভিমান, অহংকার এবং ভাবের প্রবল উচ্ছ্বাসে উদ্দাম হাস্য-ক্রন্দন-নৃত্যাদি আচরণকে তিনি পাগলের খেয়াল বা প্রলাপের মধ্যেই গণ্য করতেন; এবং এসবে যে তেমন অধিকারী সাধকের আশু অভীষ্ট ফললাভ হতে পারে, এ কথা তিনি কল্পনায়ও আনতে পারতেন না। কাজেই ব্রহ্মশক্তি জগদম্বিকাকে হৃদয় দিয়ে ভক্তি করা এবং ভক্তিপথের এসব আচরণের কথা নিয়ে পুরীজীর সঙ্গে ঠাকুরের অনেক সময় ঠোকাঠুকি লেগে যেত।
এ বিষয়ে প্রমাণ—‘কেঁও রোটী ঠোকতে হো’
ঠাকুর ছেলেবেলা থেকে সকাল-সন্ধ্যায় করতালি দিতে দিতে এবং সময়ে সময়ে ভাবে নৃত্য করতে করতে ‘হরিবোল হরিবোল’, ‘হরি গুরু, গুরু হরি’, ‘হরি প্রাণ হে, গোবিন্দ মম জীবন’, ‘মন কৃষ্ণ—প্রাণ কৃষ্ণ—জ্ঞান কৃষ্ণ—ধ্যান কৃষ্ণ—বোধ কৃষ্ণ—বুদ্ধি কৃষ্ণ’, ‘জগৎ তুমি—জগৎ তোমাতে’, ‘আমি যন্ত্র, তুমি যন্ত্রী’ ইত্যাদি উচ্চস্বরে বার বার কিছুক্ষণ বলতেন। বেদান্তজ্ঞানে অদ্বৈতভাবে নির্বিকল্প সমাধিলাভের পরও প্রতিদিন তেমনই করতেন। একদিন বিকেলে পঞ্চবটীতে পুরীজীর কাছে বসে নানা ধর্মকথা-প্রসঙ্গে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা সমাগত দেখে ঠাকুর কথাবার্তা থামিয়ে করতালি দিয়ে সেইরকমই ভগবানের স্মরণ-মনন করতে লাগলেন। তাঁকে এমন করতে দেখে পুরীজী অবাক হয়ে ভাবতে লাগলেন—যিনি বেদান্তপথের এত উত্তম অধিকারী যে, তিন দিনেই নির্বিকল্প সমাধি লাভ করলেন, তাঁর আবার হীনাধিকারীর মতো এ সব অনুষ্ঠান কেন? প্রকাশ্যে বিদ্রূপ করে বলেও ফেললেন, ‘আরে, কেঁও রোটী ঠোকতে হো?’ —অর্থাৎ, উত্তর-পশ্চিমাঞ্চলে স্ত্রীপুরুষে অনেক সময়ে চাকি-বেলুন প্রভৃতির সাহায্য না নিয়ে ময়দার নেচি হাতে নিয়ে পটাপট আওয়াজ করতে করতে চাপড়ে চাপড়ে যেমন রুটি তৈরি করে, সেই রকম কেন করচ? ঠাকুর শুনে হেসে বললেন, “দূর শালা! আমি ঈশ্বরের নাম করচি, আর তুমি কিনা বলছ—আমি রুটি ঠুকচি!” পুরীজীও ঠাকুরের বালকের মতো কথায় হাসতে লাগলেন এবং বুঝলেন, ঠাকুরের এই অনুষ্ঠান অর্থশূন্য নয়; এর ভিতর এমন কোনো গূঢ়ভাব আছে, যা তাঁর রুচিকর নয় বলে তিনি ধরতে-বুঝতে পারছেন না। ওঁর এসব কাজে প্রতিবাদ না করাই ভালো।
তোতাপুরীর ক্রোধত্যাগের কথা
আর একদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীজীর ধুনির ধারে বসে আছেন। ঈশ্বরপ্রসঙ্গে ঠাকুর এবং গোসাঁইজী উভয়েরই মন খুব উঁচুতে উঠে অদ্বৈতজ্ঞানে প্রায় তন্ময়ত্ব অনুভব করছে। পাশে ধক ধক করে জ্বলতে জ্বলতে ধুনির অগ্নিমধ্যস্থ আত্মাও যেন তাঁদের আত্মার সঙ্গে একত্ব অনুভব করে আনন্দে শত জিহ্বা মেলে হাসছেন! এমন সময় বাগানের চাকরবাকরদের একজনের তামাক খাওয়ার খুব ইচ্ছা হওয়ায়, সে কল্কেতে তামাক সেজে আগুনের জন্য সেখানে এসে হাজির হল এবং ধুনির কাঠ টেনে আগুন নিতে লাগল। গোসাঁইজী ঠাকুরের সঙ্গে কথাবার্তায় ও অন্তরে অদ্বৈত ব্রহ্মানন্দ-অনুভবেই মগ্ন ছিলেন, সেই লোকটি যে এসেছে ও ধুনি থেকে আগুন নিচ্ছে, তা এতক্ষণ জানতেই পারেননি। হঠাৎ এবার সেদিকে নজর পড়তেই বিষম বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে তাকে গালিগালাজ করতে লাগলেন! এমনকি চিমটা তুলে তাকে দু-এক ঘা দেবেন, এমন ভয়ও দেখাতে লাগলেন! কারণ, আগেই বলেছি, নাগা-সাধুরা ধুনিরূপী অগ্নিকে পূজা করেন ও বিশেষ সম্মান দেখান!
ঠাকুর পুরীজীর এই ব্যবহারে অর্ধবাহ্যদশায় হাসির রোল তুলে তাঁকে বলে উঠলেন, “দূর শালা, দূর শালা!” সেই কথা বারবার বললেন আর হেসে গড়াগড়ি দিলেন! তোতা ঠাকুরের এমন ভাব দেখে আশ্চর্য হয়ে বললেন, “তুমি অমন করচ যে? লোকটির কী অন্যায় দেখ দেখি?” ঠাকুর হাসতে হাসতে বললেন, “তা তো বটে, সেই সঙ্গে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখচি! এই মুখে বলছিলে—ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় সত্তাই নেই, জগতে সকল বস্তু ও ব্যক্তি তাঁরই প্রকাশ, আর পরক্ষণেই সব কথা ভুলে মানুষকে মারতেই উঠেচ! তাই হাসছি যে, মায়ার কী প্রভাব!” তোতা সে কথা শুনেই গম্ভীর হয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, পরে ঠাকুরকে সম্বোধন করে বললেন, “ঠিক বলেছ, ক্রোধে সকল কথা বাস্তবিক ভুলে গিয়েছিলাম! ক্রোধ বড় পাজি জিনিস! আজ থেকে আর ক্রোধ করব না, ক্রোধ পরিত্যাগ করলুম।” বাস্তবিকই স্বামীজীকে সেদিন থেকে আর ক্রুদ্ধ হতে দেখা যায়নি!
মায়া কৃপা করে পথ না ছাড়লে মানুষের ঈশ্বরলাভ হয় না
ঠাকুর বলতেন, “পঞ্চভূতের ফাঁদে, ব্রহ্ম পড়ে কাঁদে—চোখ বুজে তুমি ‘কাঁটা নেই, খোঁচা নেই’, যতই কেন মনকে বুঝাও না, কাঁটায় হাত পড়লেই প্যাঁট করে বিঁধে গিয়ে উঁহু উঁহু করে উঠতে হয়; তেমনি, যতই কেন মনকে বুঝাও না—তোমার জন্ম নেই, মৃত্যু নেই, পাপ নেই, শোক নেই, দুঃখ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই—তুমি জন্ম-জরারহিত নির্বিকার সচ্চিদানন্দস্বরূপ আত্মা—কিন্তু যাই শরীরে অসুস্থতা এল, যাই মন সংসারের রূপ-রসাদি প্রলোভনের সামনে পড়ল, যাই কাম-কাঞ্চনের আপাতসুখে ভুলে কোন একটা কুকাজ করে ফেললে, অমনি মোহ, যন্ত্রণা, দুঃখ সব উপস্থিত হয়ে সব বিচার-আচার ভুলিয়ে একেবারে তোমাকে ব্যতিব্যস্ত করে তুলবে! সেজন্য ঈশ্বরের কৃপা না হলে, মায়া দোর ছেড়ে না দিলে কারুর আত্মজ্ঞানলাভ ও দুঃখের নিবৃত্তি হয় না—জানবি। চণ্ডীতে আছে শুনিসনি? —‘সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে’—অর্থাৎ মা কৃপা করে পথ ছেড়ে না দিলে কিছুই হবার জো নেই।”
এ বিষয়ে দৃষ্টান্ত—রাম, সীতা ও লক্ষ্মণের বনে পর্যটনের কথা
“রাম, সীতা ও লক্ষ্মণ বনে যাচ্চেন। বনের সরু পথ, একজনের বেশি যাওয়া যায় না। রাম ধনুকহাতে আগে আগে চলেছেন; সীতা তাঁর পাছু পাছু চলেছেন; আর লক্ষ্মণ সীতার পাছু পাছু ধনুর্বাণ নিয়ে যাচ্ছেন। লক্ষ্মণের রামের উপর এমনি ভক্তি-ভালবাসা যে, সর্বদা মনে মনে ইচ্ছা নবঘনশ্যাম রামরূপ দেখেন; কিন্তু সীতা মাঝখানে রয়েছেন, কাজেই চলতে চলতে রামচন্দ্রকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন। বুদ্ধিমতী সীতা তা বুঝতে পেরে, তাঁর দুঃখে কাতর হয়ে চলতে চলতে একবার পাশ কাটিয়ে দাঁড়িয়ে বললেন, ‘এই দ্যাখ্।’ তবে লক্ষ্মণ প্রাণভরে একবার তাঁর ইষ্টমূর্তি রামরূপ দেখতে পেলেন! সেইরকম জীব আর ঈশ্বরের মাঝখানে এই মায়ারূপিণী সীতা রয়েছেন। তিনি জীবরূপী লক্ষ্মণের দুঃখে ব্যথিত হয়ে পথ ছেড়ে পাশ কাটিয়ে না দাঁড়ালে জীব তাঁকে দেখতে পায় না, জানবি। তিনি যাই কৃপা করেন, অমনি জীবের রামরূপী নারায়ণের দর্শন হয় ও সে সব যন্ত্রণার হাত থেকে এড়ায়। নৈলে, হাজারই বিচার-আচার কর না কেন, কিছুতে কিছু হয় না। কথায় বলে—এক একটি জোয়ানের দানায় এক একশটি ভাত হজম করিয়ে দেয়, কিন্তু যখন পেটের অসুখ হয়, তখন একশটি জোয়ানের দানাও একটি ভাত হজম করাতে পারে না—সেইরকম জানবি।”
জগদম্বার কৃপায় তাঁর উচ্চাবস্থা—তোতা এ কথা বোঝেননি
তোতাপুরী স্বামীজী ৺জগদম্বার আজন্ম কৃপাপাত্র। সৎসংস্কার, সরল মন, যোগী মহাপুরুষের সঙ্গ, বলিষ্ঠ দৃঢ় শরীর ছেলেবেলা থেকেই লাভ করেছিলেন। ভাগবতী মায়া তো তাঁকে কখনও নিজের করাল, বিভীষিকাময়ী, মৃত্যুর ছায়ার মতো সর্বগ্রাসী মূর্তি দেখাননি—নিজের অবিদ্যারূপিণী মোহিনী মূর্তির ফাঁদে তো কখনও ফেলেননি—কাজেই গোসাঁইজীর কাছে পুরুষকার ও চেষ্টার সাহায্যে অগ্রসর হয়ে নির্বিকল্প-সমাধিলাভ, ঈশ্বরদর্শন, আত্মজ্ঞান সব সোজা কথা হয়ে দাঁড়িয়েছিল। সে পথে অগ্রসর হওয়ার যত কিছু বিঘ্ন-বাধা, মা যে সে-সব নিজের হাতে সরিয়ে তাঁকে পথ ছেড়ে দিয়েছিলেন—এ কথা তিনি বুঝবেন কীভাবে? এতদিনে জগদম্বার ইচ্ছা হল, সে কথা পুরী স্বামীজীকে বোঝাবেন। এতদিনে তিনি মনের সেই ভ্রম বোঝার সুযোগ পেলেন।
তোতাপুরীর অসুস্থতা
পুরীজীর পশ্চিমী শরীর; রোগ, অজীর্ণ, শরীরে শতরকম অসুস্থতা কাকে বলে তা কখনও জানতেন না। যা খেতেন, তা-ই হজম হত; যেখানেই পড়ে থাকতেন, ভালো ঘুমের অভাব হত না। আর ঈশ্বর-জ্ঞানে ও দর্শনে মনের উল্লাস ও শান্তি শতমুখে অবিরাম ধারায় মনে প্রবাহিত হত। কিন্তু ঠাকুরের শ্রদ্ধা-ভালোবাসায় মোহিত হয়ে বাঙলার জলে, বাঙলার বাষ্পকণাপূরিত গুরুভার উত্তপ্ত বায়ুতে কয়েক মাস বাস করতে না করতেই সেই দৃঢ় শরীরে রোগ প্রবেশ করল। পুরীজী কঠিন রক্তামাশয়-রোগে আক্রান্ত হয়ে পড়লেন। দিনরাত পেটের মোচড় ও টনটনানিতে পুরীজীর ধীর, স্থির, সমাধিস্থ মনও অনেক সময়ে ব্রহ্মসদ্ভাব থেকে বিচ্যুত হয়ে শরীরের দিকে এসে পড়তে লাগল! ‘পঞ্চ ভূতের ফাঁদে’ ব্রহ্ম পড়েছেন, এখন সর্বেশ্বরী জগদম্বিকার কৃপা ছাড়া আর উপায় কী?
তোতার নিজের মনের সংকেত অগ্রাহ্য করা
অসুস্থ হওয়ার কিছুদিন আগে থেকেই তাঁর সতর্ক ব্রহ্মনিষ্ঠ মন তাঁকে জানিয়েছিল যে, এখানে শরীর ভালো থাকছে না, আর এখানে থাকা যুক্তিযুক্ত নয়। কিন্তু ঠাকুরের অদ্ভুত সঙ্গ ত্যাগ করে শরীরের মায়ায় তিনি চলে যাবেন? ‘শরীর—হাড়-মাসের খাঁচা’—রসরক্তপূর্ণ, কৃমিকুলসংকুল, মাত্র দুই দিন স্থায়ী দেহ—যেটার অস্তিত্বকেই বেদান্তশাস্ত্রে ভ্রম বলা হয়েছে, তার প্রতি মমতার দৃষ্টি দিয়ে তিনি কিনা অশেষ-আনন্দ-প্রসূ এই দেব-মানবের সঙ্গ সহসা ত্যাগ করে যাবেন? যেখানে যাবেন সেখানেও শরীরের রোগবালাই তো হতে পারে? আর রোগবালাই হলেই বা তাঁর ভয় কী? শরীরটাই ভুগবে, কৃশ হবে, বড়জোর বিনষ্ট হবে—তাতে তাঁর কী আসে যায়? তিনি তো প্রত্যক্ষ জেনেছেন, দেখেছেন—তিনি অসঙ্গ নির্বিকার আত্মা, শরীরটার সঙ্গে তাঁর কোনো সম্বন্ধই নেই—তবে আবার ভয় কিসের? এরকম নানা কথা ভেবে পুরীজী মনকে উতলা হতে দেননি।
তোতার ঠাকুরের কাছে বিদায় নিতে গিয়েও না পারা ও রোগবৃদ্ধি
ক্রমে যখন রোগের সূত্রপাত হল ও কিছু কিছু যন্ত্রণা আরম্ভ হল, তখন পুরীজীর স্থানত্যাগের ইচ্ছা মধ্যে মধ্যে আরও প্রবল হতে লাগল। ঠাকুরের কাছ থেকে বিদায় নেবেন ভেবে কখনও কখনও তাঁর কাছে উপস্থিতও হলেন, কিন্তু অন্য সৎপ্রসঙ্গে মেতে সে কথা বলতে ভুলেই গেলেন। আবার যদি বা বিদায়ের কথা বলতে মনে পড়ল তো তখন যেন কে ভিতর থেকে সে সময়ের মতো তাঁর বাক্য রুদ্ধ করে দিল; বলতে বাধো-বাধো ঠেকল বলে পুরীজী ভাবলেন, ‘আজ থাক, কাল বলা যাবে’। এই ভাবতে ভাবতে স্বামীজী ঠাকুরের সঙ্গে বেদান্তালাপ করে ঘুরে-ফিরে পঞ্চবটীতলে আসনে ফিরলেন। দিন কাটতে লাগল। স্বামীজীর শরীরও আরও দুর্বল হল এবং ক্রমে রোগ কঠিন হয়ে দাঁড়াল। ঠাকুর স্বামীজীর শরীর এভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছে দেখে বিশেষ পথ্য ও সামান্য ওষুধপত্র খাওয়ার বন্দোবস্ত আগেই করেছিলেন, কিন্তু তাতেও ফল হল না, রোগ বেড়েই যেতে লাগল। ঠাকুরও মথুরকে বলে তাঁর আরোগ্যের জন্য ওষুধ-পথ্যের বিশেষ বন্দোবস্ত করে তাঁকে যথাসাধ্য সেবা-যত্ন করতে লাগলেন। তখনও পর্যন্ত স্বামীজী শরীরেই বিশেষ যন্ত্রণা অনুভব করছিলেন, কিন্তু চিরনিয়মিত মনকে ইচ্ছামাত্রেই সমাধিমগ্ন করে দেহের সব যন্ত্রণার কথা একেবারে ভুলে শান্তিলাভ করছিলেন।
মনকে আয়ত্ত করতে না পেরে তোতার গঙ্গায় শরীর বিসর্জন দিতে যাওয়া ও বিশ্বরূপিণী জগদম্বার দর্শন
রাত্রি— আজ পেটের যন্ত্রণা বিশেষ বেড়েছে। স্বামীজীকে স্থির হয়ে শুয়ে থাকতে পর্যন্ত দিচ্ছে না। একটু শুয়ে থাকার চেষ্টা করেই তিনি আবার উঠে বসলেন। বসেও সোয়াস্তি নেই। ভাবলেন, মনকে ধ্যানমগ্ন করে রাখি, শরীরে যা হবার হোক। মনকে গুটিয়ে শরীর থেকে টেনে নিয়ে স্থির করতে না করতে পেটের যন্ত্রণায় মন সেই দিকেই ছুটে চলল। আবার চেষ্টা করলেন, আবার সেরকমই হল। যেখানে শরীর ভুল হয়ে যায়, সেই সমাধিভূমিতে মন উঠতে না উঠতে যন্ত্রণায় নেমে পড়তে লাগল। যতবার চেষ্টা করলেন, ততবারই চেষ্টা বিফল হল! তখন স্বামীজী নিজের শরীরের উপর বিষম বিরক্ত হলেন। ভাবলেন—এ হাড়-মাসের খাঁচাটার জ্বালায় মনও আজ আমার বশে নেই। দূর হোক, জেনেছি তো শরীরটা কোনোমতেই আমি নই, তবে এ পচা শরীরটার সঙ্গে থেকে আর কেন যন্ত্রণা অনুভব করি? এটা আর রেখে লাভ কী? এই গভীর রাতে গঙ্গায় এটাকে বিসর্জন দিয়ে এখনই সব যন্ত্রণার অবসান ঘটাব। এই ভেবে ‘ল্যাংটা’ বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রেখে ধীরে ধীরে জলে নামলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু গভীর ভাগীরথী কি আজ সত্যি সত্যিই শুকিয়ে গেছেন? অথবা তোতা তাঁর মনের ভিতরের ছবির বহিঃপ্রকাশে এমন দেখছেন? কে বলবে? তোতা প্রায় ওপারে চলে এলেন, তবু ডুবজল পেলেন না! ক্রমে যখন রাতের অন্ধকারে অপর পারের গাছ ও বাড়িগুলি ছায়ার মতো চোখে পড়তে লাগল, তখন তোতা অবাক হয়ে ভাবলেন, ‘এ কী দৈবী মায়া! ডুবে মরার পর্যাপ্ত জলও আজ নদীতে নেই! এ কী ঈশ্বরের অপূর্ব লীলা!’ অমনি কে যেন ভিতর থেকে তাঁর বুদ্ধির আবরণ টেনে নিল! তোতার মন উজ্জ্বল আলোয় ধাঁধিয়ে গিয়ে দেখল—মা, মা, বিশ্বজননী মা, অচিন্ত্যশক্তিরূপিণী মা; জলে মা, স্থলে মা; শরীর মা, মন মা; যন্ত্রণা মা, সুস্থতা মা; জ্ঞান মা, অজ্ঞান মা; জীবন মা, মৃত্যু মা; যা কিছু দেখছি, শুনছি, ভাবছি, কল্পনা করছি—সব মা! তিনি হয়কে নয় করছেন, নয়কে হয় করছেন! শরীরের ভিতর যতক্ষণ, ততক্ষণ তিনি ইচ্ছা না করলে তাঁর প্রভাব থেকে মুক্ত হতে কারও সাধ্য নেই—মরবারও কারও সামর্থ্য নেই! আবার শরীর-মন-বুদ্ধির পারেও সেই মা—তুরীয়া, নির্গুণা মা! এতদিন যাঁকে ব্রহ্ম বলে উপাসনা করে তোতা প্রাণের ভক্তি-ভালোবাসা দিয়ে এসেছেন, সেই মা! শিব-শক্তি একাধারে হরগৌরী-মূর্তিতে অবস্থিত—ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ!
তোতার পূর্বসংকল্প-ত্যাগ
গভীর নিশীথে তোতা ভক্তিপূরিত চিত্তে জগদম্বার অচিন্ত্য অব্যক্ত বিরাট রূপ দর্শন করতে করতে, গম্ভীর অম্বারবে সব দিক মুখরিত করে তুললেন এবং নিজেকে তাঁর পদে সম্পূর্ণভাবে বলি দিয়ে, যেমন এসেছিলেন তেমনই পুনরায় জল ভেঙে ফিরে চললেন! শরীরে যন্ত্রণা হলেও এখন আর তার অনুভব নেই। প্রাণ সমাধি-স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত! ধীরে ধীরে স্বামীজী পঞ্চবটীতলে ধুনির ধারে এসে বসে সমস্ত রাত জগদম্বার নামে ও ধ্যানে কাটালেন!
অসুস্থতায় তোতার জ্ঞান—ব্রহ্ম ও ব্রহ্ম-শক্তি এক
প্রভাত হতেই ঠাকুর স্বামীজীর শারীরিক কুশল-সংবাদ জানতে এসে দেখলেন, যেন সেই মানুষই নয়! মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল, হাস্যপ্রস্ফুটিত অধর, শরীরে যেন কোনো রোগই নেই! তোতা ঠাকুরকে ইঙ্গিতে পাশে বসতে বলে ধীরে ধীরে রাতের সব ঘটনা বললেন। বললেন, রোগই আমার বন্ধুর কাজ করেছে, কাল জগদম্বার দর্শন পেয়েছি এবং তাঁর কৃপায় রোগমুক্তও হয়েছি। এতদিন আমি কী অজ্ঞই ছিলাম! যা হোক, তোমার মাকে এখন বলে-কয়ে আমাকে বিদায় দাও, এখান থেকে যাই। আমি এখন বুঝেছি, তিনিই আমাকে এই শিক্ষা দেওয়ার জন্য এতদিন ঘুরিয়ে ফিরিয়ে আমাকে এখানে আবদ্ধ রেখেছেন। নইলে আমি এখান থেকে অনেক দিন আগে চলে যাব ভেবেছি, বিদায় নেওয়ার জন্য তোমার কাছেও বার বার গিয়েছি, কিন্তু কে যেন প্রতিবারই বিদায়ের কথা বলতে দেয়নি! অন্য প্রসঙ্গে ভুলিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে রেখেছে! ঠাকুর শুনে হাসতে হাসতে বললেন, “মাকে যে আগে মানতে না, আমার সঙ্গে যে শক্তি মিথ্যা ‘ঝুট’ বলে তর্ক করতে? এখন দেখলে, চক্ষু-কর্ণের বিবাদ ঘুচে গেল। আমাকে তিনি পূর্বেই বুঝিয়েছেন, ‘ব্রহ্ম ও শক্তি অভেদ, অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয়, তেমনি’!”
তোতার জগদম্বাকে মানা ও বিদায়গ্রহণ
তারপর প্রভাতী সুরে নহবত বাজছে শুনে শিবরামের মতো গুরুশিষ্য-সম্বন্ধে আবদ্ধ উভয় মহাপুরুষ উঠে জগদম্বার মন্দিরে দর্শন করতে গেলেন এবং শ্রীমূর্তির সামনে প্রণত হলেন। দুজনেই প্রাণে প্রাণে বুঝলেন, মা তোতাকে এইবার এখান থেকে যেতে প্রসন্ন মনে অনুমতি দিয়েছেন। এর কয়েক দিন পরেই তোতা ঠাকুরের কাছে বিদায় নিয়ে দক্ষিণেশ্বর কালীবাড়ি ছেড়ে পশ্চিমে রওনা হলেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির এটাই তাঁর প্রথম ও শেষ দর্শন—কারণ এর পরে পুরী গোস্বামী আর কখনও এদিকে ফেরেননি।
তোতার ‘কিমিয়া’-বিদ্যায় অভিজ্ঞতা
আর একটি কথা বললেই তোতাপুরী সম্বন্ধে আমরা যত কথা ঠাকুরের শ্রীমুখে শুনেছিলাম, তার প্রায় সবই পাঠককে বলা হয়ে যায়। পুরী গোস্বামী ‘কিমিয়া’ বিদ্যায় বিশ্বাস করতেন। শুধু যে বিশ্বাস করতেন তা নয়, ঠাকুরকে বলেছিলেন, তিনি সেই বিদ্যার প্রভাবে তামা প্রভৃতি ধাতুকে অনেকবার সোনায় পরিণত করতে পেরেছিলেন। তোতা বলতেন, তাঁদের মণ্ডলীর প্রাচীন পরমহংসেরা এই বিদ্যা অবগত আছেন এবং গুরুপরম্পরায় তিনি তা পেয়েছেন। আরও বলতেন, ‘ওই বিদ্যার প্রভাবে নিজের স্বার্থসাধন বা ভোগবিলাস করতে একেবারে নিষেধ আছে, তাতে গুরুর অভিসম্পাত আছে। তবে মণ্ডলীতে অনেক সাধু থাকে, তাদের নিয়ে কখনও কখনও মণ্ডলীশ্বরকে তীর্থ থেকে তীর্থান্তরে যাতায়াত করতে হয় এবং তাঁদের সকলের খাওয়াদাওয়ার বন্দোবস্ত করতে হয়। গুরুর আদেশ—সেই সময়ে অর্থের অনটন হলে ওই বিদ্যা প্রয়োগ করে তাঁদের সেবার বন্দোবস্ত করতে পারো।’
উপসংহার
এভাবে ঠাকুরের গুরুভাবের সাহায্যে ভৈরবী ব্রাহ্মণী ও ব্রহ্মজ্ঞ তোতাপুরী নিজ নিজ গন্তব্য পথে পূর্ণতা লাভ করে ধন্য হয়েছিলেন। ঠাকুরের অন্যান্য শিক্ষাগুরুরাও যে তাঁর সাহায্যে একইভাবে আধ্যাত্মিক উদারতা লাভ করেছিলেন, তা-ও আমরা এ থেকেই বেশ অনুমান করতে পারি।
ওমিতি –
শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ-গুরুভাবপর্বে
পূর্বার্ধ সম্পূর্ণ॥ ওঁ॥
[1] সাধকভাব (১০ম সংস্করণ), দ্বাদশ অধ্যায়।
[2] সাধকভাব (১০ম সংস্করণ), দ্বাদশ অধ্যায়।
[3] ১৮৯৯ খ্রিস্টাব্দের জুন মাসে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বার ইংলণ্ড ও আমেরিকা যাত্রা করেন। এরই কিছুদিন পরে বেলুড় মঠে একদিন এক ব্যক্তি সহসা এসে নিজেকে ‘চন্দ্র’ বলে পরিচয় দিয়েছিলেন এবং প্রায় এক মাস ধরে সেখানে ছিলেন। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ তখন সর্বদা মঠেই থাকতেন। তাঁর সঙ্গে ওই ব্যক্তির গোপনে অনেক কথাবার্তাও হতে দেখেছি। শুনেছি তিনি ব্রহ্মানন্দজীকে বার বার জিজ্ঞাসা করতেন – “আপনি কি এখানে কিছু টের পান? অর্থাৎ, ঠাকুরের জাগ্রত সত্তা কিছু অনুভব করেন?” – ইত্যাদি।
তিনি বলতেন, ঠাকুর তাঁর সম্বন্ধে যা কিছু বলেছিলেন তার সমুদয় কথাই সত্য হয়েছে। কেবল মৃত্যুর আগে তাঁকে দর্শন দিতে যে প্রতিশ্রুত হয়েছিলেন, সেই কথাটিই সত্য বলে প্রত্যক্ষ করতে তাঁর তখনও বাকি ছিল। লোকটি মঠের ঠাকুরঘরে গিয়ে প্রতিদিন অনেকক্ষণ অতি ভক্তিভরে জপ-ধ্যান করতেন। সেই সময় তাঁর চোখ দিয়ে প্রেমাশ্রুও পড়ত। ঠাকুরের সম্বন্ধে কেউ কোনো কথা জিজ্ঞাসা করলে ইনি সে বিষয়ে যা জানতেন তা অতি আনন্দের সঙ্গে বলতেন। এঁকে অতি শান্ত প্রকৃতির লোক বলেই আমাদের বোধ হয়েছিল। লোকটিকে সর্বদা এক জায়গায় নিস্তব্ধভাবে বসে থাকতে এবং সময়ে সময়ে চোখ বুজে থাকতে দেখে একবার একজন এঁকে উপহাসচ্ছলে জিজ্ঞাসা করেছিলেন – “মহাশয়ের কি আফিম খাওয়ার অভ্যাস আছে?” তা শুনে তিনি অতি বিনীতভাবে বলেছিলেন – “আমি আপনাদের কাছে কী অপরাধে অপরাধী হয়েছি যে অমন কথা বলছেন?”
ঠাকুরঘরে গিয়ে প্রথম প্রণামের সময় তিনি ঠাকুরের শ্রীমূর্তিকে ‘দাদা’ বলে সম্বোধন করেছিলেন এবং ভাবে-প্রেমে আবিষ্ট হয়ে অজস্র নয়নাশ্রু বর্ষণ করেছিলেন। তাঁকে দেখলে সাধারণ লোকের মতোই বোধ হত। গৈরিক বা তিলকাদির আড়ম্বর ছিল না। পরনে ছিল শুধু সামান্য একখানি ধুতি ও উড়ানি, আর হাতে ছাতা ও একটি কাম্বিসের ব্যাগ। ব্যাগের ভিতর ছিল শুধু আর একখানি পরার ধুতি, গামছা ও বোধ হয় একটি জল খাওয়ার ঘটি। তিনি বলেছিলেন, তিনি এভাবে প্রায়ই তীর্থে তীর্থে পর্যটন করে বেড়ান। স্বামী ব্রহ্মানন্দ এঁকে বিশেষ আদর-সম্মান করে মঠেই চিরকাল থাকতে অনুরোধ করেছিলেন। ইনিও সম্মত হয়ে বলেছিলেন, “দেশের জমিগুলোর একটা বন্দোবস্ত করে এসে এখানে থাকব।” কিন্তু সেই থেকে এ পর্যন্ত ওই ব্যক্তি আর মঠে আসেননি। প্রসঙ্গে উল্লিখিত চন্দ্র সম্ভবত তিনিই হবেন।
[4] সংসার-বিরাগী সাধুদের মধ্যে প্রচলিত একটি উক্তি। ‘রম্তা’ – অর্থাৎ যিনি নিরন্তর এক জায়গায় না থেকে ভ্রমণ করে বেড়ান, এইরকম সাধুতে এবং যে জলে প্রবাহ বা নিরন্তর স্রোত বইছে, এমন জলে কখনও মলিনতা দাঁড়াতে পারে না। নিত্যপর্যটনশীল সাধুর মন কখনও কোনো বস্তু বা ব্যক্তিতে আসক্ত হয় না, এটাই অর্থ।
গুরুভাবের উত্তরার্ধ প্রকাশিত হল। গ্রন্থে শ্রীরামকৃষ্ণ-জীবনের মধ্যভাগের পরিচয়মাত্র পেয়ে পাঠক হয়তো বলবেন, এ বিপরীত প্রথা অবলম্বন করা হল কেন? ঠাকুরের জন্ম থেকে সাধনকাল পর্যন্ত সময়ের জীবনেতিহাস পূর্বে লিপিবদ্ধ না করে তাঁর সিদ্ধাবস্থার কথা আগে বলা হল কেন? তার উত্তরে আমাদের বলতে হয় যে –
প্রথমত— আগে থেকে মতলব এঁটে আমরা সেই লোকোত্তর পুরুষের জীবনী লিখতে বসিনি। তাঁর মহদুদার জীবনেতিহাস আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তির হাতে যথাযথভাবে লিপিবদ্ধ হওয়া যে সম্ভবপর, এ উচ্চাশাও কখনও হৃদয়ে পোষণ করতে সাহস করিনি। ঘটনাচক্রে পড়ে শ্রীরামকৃষ্ণ-জীবনের দু-চারটি কথামাত্র ‘উদ্বোধনে’র পাঠকবর্গকে জানানোর অভিপ্রায়েই আমরা এ কাজে হাত দিয়েছিলাম। তাতে যে আমাদের এতদূর অগ্রসর হতে হবে, সে কথা তখন বুঝতে পারিনি। অতএব এমন ক্ষেত্রে পরের কথা যে আগে বলা হবে, এতে আর আশ্চর্য কী?
দ্বিতীয়ত— শ্রীরামকৃষ্ণ-জীবনের অলৌকিক ঘটনাবলি এবং অদৃষ্টপূর্ব সাধনের কথা লিপিবদ্ধ করতে আমাদের আগে অনেকেই সচেষ্ট হয়েছিলেন। স্থানে স্থানে ভ্রম-প্রমাদ পরিলক্ষিত হলেও ঠাকুরের জীবনের প্রায় সব ঘটনাই এভাবে মোটামুটি সাধারণের নজরে এসেছিল। সেজন্য পুনরায় সেই সব কথা লিপিবদ্ধ করতে গিয়ে বৃথা শক্তিক্ষয় না করে, এ পর্যন্ত কেউই যে কাজে হাত দেননি সেই কাজে, অর্থাৎ ঠাকুরের অলৌকিক ভাবগুলি পাঠককে যথাযথভাবে বোঝানোর কাজে যত্ন করাই আমরা যুক্তিযুক্ত বিবেচনা করেছিলাম। আবার ঠাকুরের ভাবমুখে অবস্থান এবং তাঁর মধ্যে গুরুভাবের স্বাভাবিক বিকাশ, এই বিষয়টি প্রথমে বুঝতে না পারলে তাঁর অদ্ভুত চরিত্র, অদৃষ্টপূর্ব মনোভাব এবং অসাধারণ কার্যকলাপের কিছুই বোঝা যাবে না বলেই আমরা সেই বিষয়টি পাঠককে সবার আগে বোঝাতে প্রয়াস পেয়েছিলাম।
কেউ কেউ হয়তো বলবেন, কিন্তু গ্রন্থের মধ্যে স্থানে স্থানে ঠাকুরের বিশেষ বিশেষ কাজ ও মনোভাবের কথা বোঝাতে গিয়ে তোমরা নিজেরা সেসব যেভাবে বুঝেছ তা-ই পাঠককে বলতে চেষ্টা করেছ। এতে তোমাদের বুদ্ধি ও বিবেচনাকেই ঠাকুরের দুরবগাহ চরিত্র ও মনোভাবের পরিমাপক করা হয়েছে। এভাবে তোমাদের বুদ্ধি ও বিবেচনা যে ঠাকুরকেও অতিক্রম করতে সমর্থ, এ কথা স্পষ্টত না হোক পরোক্ষভাবে স্বীকার করে তোমরা কি তাঁকে সাধারণের চোখে ছোট করোনি? ওরকম না করে যথার্থ ঘটনার কেবলমাত্র যথাযথ উল্লেখ করে ক্ষান্ত থাকলেই তো হত। তাতে ঠাকুরকেও ছোট করা হত না এবং যার যেমন বুদ্ধি সে সেইভাবেই ঘটনাগুলির অর্থ বুঝে নিতে পারত।
কথাগুলি আপাতমনোহর হলেও অল্প চিন্তা করলেই সেগুলির অন্তঃসারশূন্যতা প্রতীয়মান হবে। কারণ, কোনো বিষয় ধরতে ও বুঝতে মানব চিরকালই তার ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সহায়তা গ্রহণ করে এসেছে এবং পরেও তেমনই করে যাবে। এমন করা ছাড়া তার আর গত্যন্তর নেই। তাতে এ কথা কিন্তু কখনোই প্রতিপন্ন হয় না যে, মানব যে বিষয় ধরতে ও বুঝতে যায়, সেই বিষয়ের চেয়ে তার মন-বুদ্ধি প্রভৃতি বড়। দেশ, কাল, বিশ্ব, আত্মা, ঈশ্বর প্রভৃতি সকল অনন্ত পদার্থকেই মন-বুদ্ধির অতীত জেনেও মানব ওইভাবে সর্বদা ধরতে ও বুঝতে চেষ্টা করছে। কিন্তু সেই সব পদার্থকে এভাবে বোঝার জন্য তার যে চেষ্টা, তাকে আমরা পরিমাপ করাও বলি না অথবা দূষণীয়ও বিবেচনা করি না। বরং এটাই বুঝি যে, সেই চেষ্টার ফলে তার নিজের মন-বুদ্ধিই পরিশেষে প্রশস্ততা লাভ করে তার কল্যাণসাধন করবে।
অতএব লোকোত্তর পুরুষদের অলৌকিক আচরণাদি এভাবে অনুধাবন করলে তাতে আমাদের নিজেদের কল্যাণই সাধিত হয়, তাঁদের পরিমাপ করা হয় না। মন ও বুদ্ধির সাধনপ্রসূত শুদ্ধতা ও সূক্ষ্মতার তারতম্য অনুসারেই লোকে তাঁদের দিব্যভাব ও কার্যকলাপ অল্প বা অধিক পরিমাণে বুঝতে ও বোঝাতে সক্ষম হয়। শ্রীরামকৃষ্ণ-চরিত্র সম্বন্ধে আমরা যতদূর বুঝতে পেরেছি, সমধিক সাধনসম্পন্ন ব্যক্তি সেই চরিত্র তার চেয়ে আরও বেশি বুঝতে পারবেন। অতএব এই দেবচরিত্র বোঝার জন্য আমরা নিজ নিজ মন-বুদ্ধি প্রয়োগ করলে তাতে দোষের কিছুই নেই; কেবল ঠাকুরের চরিত্রের সবটা বুঝে ফেলেছি—এ কথা মনে না করলেই হবে। এই কথাটির দৃঢ় ধারণা হৃদয়ে থাকলেই সেই সব বৃথা আশঙ্কার আর কোনো সম্ভাবনা থাকবে না। ইতি –
বিনীত
গ্রন্থকার
যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবাঃ।
শ্রদ্ধাবন্তোঽনসূয়ন্তো মুচ্যন্তে তেঽপি কর্মভিঃ॥
– গীতা, ৩।৩১
দক্ষিণেশ্বরে আগত সাধু ও সাধকদের সঙ্গে ঠাকুরের গুরুভাবের সম্বন্ধ-বিষয়ে কলিকাতার লোকের অজ্ঞতা
কলিকাতার জনসাধারণের ধারণা, ঠাকুর কলিকাতার কেশবচন্দ্র সেন প্রমুখ কতকগুলি ইংরেজিশিক্ষিত, পাশ্চাত্যভাবে ভাবিত নব্য হিন্দুদলের লোকের ভিতরেই ধর্মভাব সঞ্চারিত করেছিলেন বা তাঁদের ভিতরেই আগে থেকে প্রদীপ্ত ধর্মভাবকে আরও উজ্জ্বল করেছিলেন। কিন্তু কলিকাতার লোকেরা ঠাকুরের দক্ষিণেশ্বরে থাকার কথা জানতে পারার বহু আগে থেকেই যে ঠাকুরের কাছে বাংলা এবং উত্তর ভারতবর্ষের প্রায় সব প্রদেশ থেকে সব সম্প্রদায়ের বিশিষ্ট বিশিষ্ট সাধু, সাধক এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা এসে উপস্থিত হয়েছিলেন এবং ঠাকুরের জ্বলন্ত জীবন্ত ধর্মাদর্শ ও গুরুভাবের সাহায্যে নিজ নিজ নির্জীব ধর্মজীবনে প্রাণসঞ্চার লাভ করে অন্যত্র অনেকানেক লোকের ভিতর সেই নব ভাব, নব শক্তি সঞ্চারিত করতে চলে গিয়েছিলেন—এ কথা কলিকাতার সাধারণ মানুষ জানেন না।
“ফুল ফুটলে ভ্রমর জোটে।” ধর্মদানের যোগ্যতা চাই, নইলে প্রচার বৃথা
ঠাকুর বলতেন—‘ফুল ফুটলেই ভ্রমর আপনি এসে জোটে’, তাকে ডেকে আনতে হয় না। তোমার ভিতরে ঈশ্বরভক্তি ও প্রেম যথার্থই বিকশিত হলে যাঁরা ঈশ্বরতত্ত্বের অনুসন্ধানে, সত্যলাভের জন্য জীবনোৎসর্গ করেছেন বা করতে কৃতসংকল্প হয়েছেন, তাঁরা সকলে কী একটা অনির্দিষ্ট আধ্যাত্মিক নিয়মের বশে তোমার কাছে এসে জুটবেনই জুটবেন। সেজন্য ঠাকুরের মতই ছিল—আগে ঈশ্বরবস্তু লাভ করো, তাঁর দর্শন ও কৃপা লাভ করে যথার্থ লোকহিতের জন্য কাজ করার ক্ষমতায় ভূষিত হও, এ বিষয়ে তাঁর আদেশ বা ‘চাপরাস’ লাভ করো, তবেই ধর্মপ্রচার বা বহুজনহিতায় কর্ম করতে অগ্রসর হও; নইলে, ঠাকুর বলতেন, “তোমার কথা নেবে কে? তুমি যা করতে বলবে, দশে তা নেবে কেন, শুনবে কেন?”
আধ্যাত্মিক বিষয়ে সকলেই সমান অন্ধ
বাস্তবিক এই জন্ম-জরা-মৃত্যু-সংকুল দুঃখ-দারিদ্র্য-অজ্ঞানান্ধকারপূর্ণ জগতে আমরা অহংকারে ফুলে উঠে যতই নিজেদের অপরের চেয়ে বড় জ্ঞান করি না কেন, অবস্থা আমাদের সকলেরই সমান। জড়বিজ্ঞানের উন্নতি করে অঘটন-ঘটন-পটীয়সী জগজ্জননীর মায়ার রাজ্যে দু-চারটে দ্রব্যগুণ জেনে নিয়ে যতই আমরা কল-কারখানার বিস্তার করি না কেন, দুর্দশা আমাদের চিরকাল সমান রয়েছে! সেই ইন্দ্রিয়-তাড়না, সেই লোভ-লালসা, সেই নিরন্তর মৃত্যুভয়, সেই কে আমি, কেনই বা এখানে, পরেই বা কোথায় যাব—পঞ্চেন্দ্রিয় ও মনবুদ্ধির সাহায্যে সত্যলাভের প্রয়াসী হলেও সেগুলির দ্বারাই পদে পদে প্রতারিত ও বিপথগামী—আমার এ খেলার উদ্দেশ্য কী এবং এর হাত থেকে মুক্তিলাভ কখনও হবে কি না—এসব বিষয়ে পূর্ণমাত্রায় অজ্ঞানতা নিরন্তরই বিদ্যমান! এ চির-অভাবগ্রস্ত সংসারে যথার্থ তত্ত্বজ্ঞান নেওয়ার লোক তো সকলেই! কিন্তু তাদের তা দেয় কে? বাস্তবিক কারও যদি কিছু দান করার থাকে তো সে কত দেবে দিক না। কিন্তু ভ্রান্ত—শত ভ্রান্ত মানব সে কথা বোঝে না। কিছু না থাকলেও সে নাম-যশের বা অন্য কিছু স্বার্থের প্ররোচনায় যা তার নেই, আগেভাগে তা-ই অপরকে দিতে ছোটে বা সে যে তা দিতে পারে এমন ভান করে এবং ‘অন্ধেনৈব নীয়মানা যথান্ধাঃ’ নিজেও হায় হায় করে পশ্চাত্তাপ করে, অপরকেও তেমনই করায়!
ঠাকুর ধর্মপ্রচার কীভাবে করেন
সেইজন্য ঠাকুর সংসারে সকলে যে পথে চলছে তার সম্পূর্ণ বিপরীত পথ অবলম্বন করে পূর্ণমাত্রায় ত্যাগ, বৈরাগ্য ও সংযমাদি অভ্যাসে নিজেকে শ্রীশ্রীজগদম্বার হাতের ঠিক ঠিক যন্ত্র করে ফেললেন এবং সত্যবস্তু লাভ করে স্থির নিশ্চিন্ত হয়ে একই স্থানে বসে জীবন কাটিয়ে যথার্থ কার্যানুষ্ঠানের এক নতুন ধারা দেখিয়ে গেলেন। দেখালেন যে, বস্তুলাভ করে অপরকে দেওয়ার যথার্থ কিছু সংগ্রহ করে যেমন তিনি তা বিতরণের জন্য তাঁর জ্ঞানভাণ্ডার খুলে দিলেন, অমনি অনাহূত হলেও কোথা থেকে পিপাসু লোকেরা এসে জুটতে লাগল এবং তাঁর দিব্যদৃষ্টি ও স্পর্শে পূত হয়ে শুধু নিজেরাই যে ধন্য হয়ে গেল তা নয়, তারা যেখানেই গেল সেখানেই সেই নব ভাব প্রসারিত করে অপর সাধারণকেও ধন্য করতে লাগল। কারণ ভিতরে যে ভাবরাশি থাকে তা-ই আমরা বাইরে প্রকাশ করি—তা আমরা যেখানেই থাকি না কেন। ঠাকুর তাঁর সরল গ্রাম্য ভাষায় যেমন বলতেন, “যে যা খায় তার ঢেকুরে (উদ্গারে) সেই গন্ধই পাওয়া যায়—শশা খাও, শশার গন্ধ বেরুবে; মুলো খাও, মুলোর গন্ধ বেরুবে—এইরূপই হয়।”
ব্রাহ্মণীর সঙ্গে সাক্ষাতের সময় ঠাকুরের অবস্থা
ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে সাক্ষাৎ ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা। দেখতে পাই, সেই সময় থেকেই তিনি শাস্ত্রমর্যাদা রক্ষা করে ব্রাহ্মণীর দেখানো সাধনমার্গে যেমন দৃঢ় ও দ্রুত পায়ে অগ্রসর হচ্ছেন, তেমনি আবার তাঁর মধ্যে গুরুভাবের বিশেষ প্রকাশ হতে আরম্ভ করেছে। কিন্তু সেই সময়ের আগে তাঁর মধ্যে যে ওই ভাব আদৌ ছিল না, তা বলতে পারি না। কারণ আগের প্রবন্ধগুলিতে আমরা দেখেছি যে, ঠাকুরের জীবনে গুরুভাবের বিকাশ বাল্যকাল থেকে সব সময়েই কমবেশি ছিল এবং এমনকি, তাঁর নিজের দীক্ষাগুরুরাও সেই গুরুভাবের সাহায্যে নিজ নিজ ধর্ম-জীবনের অভাব, ত্রুটি ও অবসাদ দূর করে পূর্ণতা লাভের সুযোগ পেয়েছিলেন।
ঠাকুরের উচ্চাবস্থা-সম্বন্ধে অপরে কী বুঝত
ব্রাহ্মণী আসার আগে ঠাকুরের অদৃষ্টপূর্ব ঈশ্বরানুরাগ ও ব্যাকুলতাকে অনেকটা উন্মত্ততা ও শারীরিক ব্যাধি বলেই গণ্য করা হচ্ছিল এবং তার উপশমের জন্য চিকিৎসাও চলছিল। ৺গঙ্গাপ্রসাদ সেনের বাড়িতে ঠাকুর কবিরাজি চিকিৎসার জন্য এলে পূর্ববঙ্গীয় একজন সাধক তাঁকে দেখে ওইসব শারীরিক লক্ষণকে ‘যোগজ বিকার’ বা যোগাভ্যাস করতে করতে শরীরে যেসব অসাধারণ পরিবর্তন দেখা দেয় তা-ই বলে চিহ্নিত করলেও সে কথায় তখন কেউ বড় একটা আস্থা রাখেননি। মথুর প্রমুখ সকলেই স্থির করেছিলেন, সেগুলি ঈশ্বরানুরাগের সঙ্গে বায়ুরোগের সম্মিলনে দেখা দিয়েছে। ভক্তিশাস্ত্রজ্ঞা বিদুষী ব্রাহ্মণীই ওইসব শারীরিক বিকারকে প্রথম অসাধারণ ঈশ্বরভক্তি-প্রসূত দেববাঞ্ছিত মানসিক পরিবর্তনের অনুরূপ দিব্য শারীরিক পরিবর্তন বলে সকলের সমক্ষে চিহ্নিত করলেন। শুধু চিহ্নিত করেই ক্ষান্ত হলেন না, সাক্ষাৎ প্রেম-ভক্তিরূপিণী ব্রজেশ্বরী শ্রীমতী রাধা থেকে মহাপ্রভু শ্রীকৃষ্ণ-চৈতন্য পর্যন্ত পূর্ববর্তী সমস্ত যোগী আচার্যের জীবনেই যে অপূর্ব মানসিক অনুভবের সঙ্গে সঙ্গে তেমন সব শারীরিক অনুভূতি সময়ে সময়ে দেখা দিয়েছিল এবং সে কথা যে ভক্তিগ্রন্থগুলিতে লিপিবদ্ধ রয়েছে, তাও তিনি শাস্ত্রবচন উদ্ধৃত করে দেখালেন এবং ঠাকুরের শারীরিক লক্ষণের সঙ্গে সেগুলি মিলিয়ে নিজের কথা প্রমাণ করতে লাগলেন। তাঁর সে কথায়, জননীর আশ্বাসে বালক যেমন সাহস ও বল পেয়ে আনন্দ প্রকাশ করতে থাকে, ঠাকুর তো তেমন করতে লাগলেনই, আবার মথুর প্রমুখ কালীবাড়ির সকলেও বড় কম আশ্চর্য হলেন না। তার উপর যখন ব্রাহ্মণী মথুরকে বললেন, “শাস্ত্রজ্ঞ সুপণ্ডিত সকলকে আনো, আমি তাঁদের কাছে আমার এ কথা প্রমাণ করতে প্রস্তুত”, তখন আর তাঁদের আশ্চর্যের পরিসীমা রইল না।
ঠাকুরের অবস্থা বুঝে ব্রাহ্মণী শাস্ত্রজ্ঞদের আনতে বলায় মথুরের সিদ্ধান্ত
কিন্তু আশ্চর্য হলে কী হবে? ভিক্ষাব্রতাবলম্বিনী নগণ্য একটা অপরিচিত স্ত্রীলোকের কথায় ও পাণ্ডিত্যে সহসা কে বিশ্বাস করতে পারে? কাজেই পূর্ববঙ্গীয় কবিরাজের কথার মতো ভৈরবী ব্রাহ্মণীর কথাও মথুরানাথ প্রভৃতির এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যেত নিশ্চয়, তবে ঠাকুরের আগ্রহ ও অনুরোধে ব্যাপারটা অন্যরকম দাঁড়িয়ে গেল। বালকবৎ ঠাকুর মথুরবাবুকে ধরে বসলেন, ‘ভালো ভালো পণ্ডিত আনিয়ে ব্রাহ্মণী যা বলছে, তা যাচাই করতে হবে।’ ধনী মথুরও ভাবলেন—ছোট ভট্চাযের জন্য ওষুধে ও ডাক্তার-খরচায় তো এত টাকা যাচ্ছে, তা ওরকম করতে দোষ কী? পণ্ডিতেরা এসে শাস্ত্রপ্রমাণে ব্রাহ্মণীর কথা কেটে দিলে—এবং দেবেও নিশ্চিত—অন্তত একটা লাভও হবে। পণ্ডিতদের কথায় বিশ্বাস করে ছোট ভট্চাযের সরল বিশ্বাসী হৃদয়ে অন্তত এ ধারণাটা হবে যে, তাঁর কোনো একটা রোগ হয়েছে—এতে তাঁর নিজের মনের উপর একটা বাঁধ দিতেও ইচ্ছা হতে পারে। পাগল তো লোকে এভাবেই হয়—নিজে যা করছি, বুঝছি, তা-ই ঠিক আর অপর দশজনে যা বুঝছে, করতে বলছে, তা ভুল—এই স্থির করে নিজের মনের উপর, চিন্তার উপর বাঁধ না দিয়ে মনকে নিজের বশীভূত রাখার চেষ্টা না করেই তো লোক পাগল হয়! আর পণ্ডিতদের না ডেকে ভট্চাযকে ব্রাহ্মণীর কথায় অবাধে বিশ্বাস করতে দিলে তাঁর মানসিক বিকার আরও বেড়ে শারীরিক রোগও যে বাড়বে, তাতে আর সন্দেহ কী। এভাবে কতক কৌতূহলে, কতক ঠাকুরের প্রতি ভালোবাসায়—এমন কিছু একটা ভেবেই যে মথুর ঠাকুরের অনুরোধে পণ্ডিতদের আনাতে সম্মত হয়েছিলেন, এ আমরা বেশ বুঝতে পারি।
বৈষ্ণবচরণ ও ‘ইঁদেশে’র গৌরীকে আহ্বান
কলিকাতার পণ্ডিতমহলে তখন বৈষ্ণবচরণের বেশ প্রতিপত্তি। আবার অনেক জায়গায় সকলের সামনে তিনি শ্রীমদ্ভাগবত গ্রন্থ সুন্দরভাবে ব্যাখ্যা করে পাঠ করতেন বলে সাধারণ মানুষের কাছেও তাঁর খুব নামযশ। সেজন্য ঠাকুর, মথুরবাবু ও ব্রাহ্মণী সকলেই তাঁর কথা আগেই শুনেছিলেন। মথুর তাঁকে আনাবেন বলে ঠিক করলেন এবং বাঁকুড়া অঞ্চলের ইঁদেশের গৌরী পণ্ডিতের অসাধারণ ক্ষমতা ও পাণ্ডিত্যের কথা শুনে তাঁকেও আনাতে মনস্থ করলেন। এভাবেই বৈষ্ণবচরণ ও ইঁদেশের গৌরী দক্ষিণেশ্বরে আসেন। ঠাকুরের কাছে আমরা এঁদের অনেক কথা অনেক সময় শুনেছি। সে কথাই এখন পাঠককে উপহার দিলে মন্দ হবে না।
বৈষ্ণবচরণের তখন কতটা খ্যাতি
বৈষ্ণবচরণ কেবল যে পণ্ডিত ছিলেন তা নয়, একজন ভক্ত সাধক বলেও সাধারণের কাছে পরিচিত ছিলেন। তাঁর ঈশ্বরভক্তি এবং দর্শনাদি শাস্ত্রে, বিশেষত ভক্তিশাস্ত্রে, সূক্ষ্ম দৃষ্টি তাঁকে তৎকালীন বৈষ্ণবসমাজের একজন নেতা করে তুলেছিল বলা যেতে পারে। বিদায়-আদায় নিমন্ত্রণাদিতে বৈষ্ণবসমাজ তাঁকে সবার আগে সাদরে আহ্বান করতেন। ধর্মবিষয়ে কোনো মীমাংসায় পৌঁছতে হলে সমাজ অনেক সময় তাঁকেই জিজ্ঞাসা করতেন ও তাঁর মুখাপেক্ষী হয়ে থাকতেন। আবার সাধনপথের ঠিক ঠিক নির্দেশ পাওয়ার জন্য অনেক ভক্ত সাধকও তাঁর কাছে এসে তাঁরই পরামর্শে গন্তব্যপথে অগ্রসর হতেন। কাজেই ভক্তির আতিশয্যে ঠাকুরের ওইরকম ভাবাদি হচ্ছে কিংবা কোনো শারীরিক ব্যাধির ফলে সেরকম হচ্ছে, তা নির্ণয় করতে মথুর যে বৈষ্ণবচরণকে আনার সংকল্প করবেন, এতে আর আশ্চর্য কী?
ঠাকুরের গাত্রদাহ-নিবারণে ব্রাহ্মণীর ব্যবস্থা
ভৈরবী ব্রাহ্মণী আবার ইতিমধ্যে ঠাকুরের অবস্থা সম্বন্ধে তাঁর ধারণা যে সত্য, তার এক বিশিষ্ট প্রমাণ পেয়ে নিজেও উল্লসিত হয়েছিলেন এবং অপরকেও বিস্মিত করেছিলেন। তা এই—ব্রাহ্মণী আসার কিছু আগে থেকে ঠাকুর গাত্রদাহে বিষম কষ্ট পাচ্ছিলেন। সে জ্বালা নিবারণের অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু কিছুমাত্র ফল হয়নি। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, সূর্যোদয়ের পর থেকে যত বেলা হত ততই সে জ্বালা বেড়ে চলত। দুপুরে এত অসহ্য হয়ে উঠত যে, গঙ্গার জলে শরীর ডুবিয়ে মাথায় একখানি ভিজে গামছা চাপা দিয়ে দু-তিন ঘণ্টা ধরে বসে থাকতে হত। আবার অত বেশিক্ষণ জলে পড়ে থাকলে পাছে অতিরিক্ত ঠান্ডা লেগে সেরকম কোনো অসুখ করে, এজন্য ইচ্ছা না হলেও জল থেকে উঠে এসে বাবুদের কুঠির ঘরের মর্মর পাথরে বাঁধানো মেঝে ভিজে কাপড় দিয়ে মুছে ঘরের সমস্ত দরজা বন্ধ করে সেই মেঝেতে গড়াগড়ি দিতে হত।
ব্রাহ্মণী ঠাকুরের এমন অবস্থার কথা শুনেই অন্যরকম ধারণা করলেন। বললেন, এ ব্যাধি নয়; এও ঠাকুরের মনের প্রবল আধ্যাত্মিকতা বা ঈশ্বরানুরাগের ফলেই দেখা দিয়েছে। বললেন, ঈশ্বরদর্শনের অত্যুগ্র ব্যাকুলতায় শরীরে এমন সব বিকার-লক্ষণ শ্রীমতী রাধারানী ও শ্রীচৈতন্যদেবের জীবনে অনেক সময় দেখা দিত। এ রোগের ওষুধও অপূর্ব—সুগন্ধি ফুলের মালা ধারণ এবং সর্বাঙ্গে সুবাসিত চন্দন লেপন।
বলা বাহুল্য, ব্রাহ্মণীর এমন রোগনির্ণয়ে বিশ্বাস করা দূরে থাকুক, মথুর প্রমুখ সকলে হাসি সংবরণ করতেও পারেননি। ভেবেছিলেন, কত ওষুধ খেয়ে, মধ্যমনারায়ণ, বিষ্ণুতৈল প্রভৃতি কত তেল মালিশ করে যার কিছু উপশম হল না, তা কিনা বলে ‘রোগ নয়’। তবে ব্রাহ্মণী যে সহজ ওষুধের ব্যবস্থা করছে তা ব্যবহার করতে কারও কোনো আপত্তিই হতে পারে না। দু-এক দিন লাগিয়ে কোনো ফল না পেলে রোগী নিজেই তা ছেড়ে দেবে। অতএব ব্রাহ্মণীর কথামতো ঠাকুরের শরীর চন্দনলেপ ও পুষ্পমাল্যে ভূষিত হল। কিন্তু তিন দিন এই ব্যবস্থা চলার পর দেখা গেল, ঠাকুরের সে গাত্রদাহ একেবারে তিরোহিত হয়েছে। সকলে আশ্চর্য হলেন। কিন্তু অবিশ্বাসী মন কি সহজে ছাড়ে? বলল—ওটা কাকতালীয়ের মতো হয়েছে আর কি! ভট্টাচার্য মহাশয়কে শেষে ওই যে বিষ্ণুতৈলটা ব্যবহার করতে দেওয়া হয়েছিল, ওটা একেবারে খাঁটি তেল ছিল; কবিরাজের কথার ভাবেই সেটা বোঝা গিয়েছিল—সেই তেলটাতেই উপকার হয়ে আসছিল; আর দু-এক দিন ব্যবহার করলেই সব জ্বালাটুকু দূর হত, এমন সময় ভৈরবী চন্দন মাখানোর ব্যবস্থাটা করেছে, তাই অমন হয়েছে। ব্রাহ্মণী যা-ই বলুক আর ব্যবস্থা করুক না কেন, ও তেলটা কিন্তু বরাবর মাখানো উচিত।
ঠাকুরের বিপরীত ক্ষুধা-নিবারণে ব্রাহ্মণীর ব্যবস্থা
কিছুদিন পরে ঠাকুরের আবার এক উপসর্গ দেখা দেয়। ব্রাহ্মণীর সহজ ব্যবস্থায় সেটিও তিন দিনে সেরে গিয়েছিল, এ কথাও আমরা ঠাকুরের মুখে শুনেছি। ঠাকুর বলতেন, “এ সময় একটা বিপরীত ক্ষুধার উদ্রেক হয়েছিল। যতই কেন খাই না, পেট কিছুতেই যেন ভরত না। এই খেয়ে উঠলুম, আবার তখনি যেন কিছু খাই খাই—সমান খাবার ইচ্ছা! দিন-রাত্তির কেবলই ‘খাই-খাই’ ইচ্ছা—তার আর বিরাম নেই। ভাবলুম, এ আবার কী ব্যারাম হল? বামনীকে বল্লুম, সে বল্লে—‘বাবা, ভয় নেই, ঈশ্বরপথের পথিকদের ওরকম অবস্থা কখন কখন হয়ে থাকে, শাস্ত্রে এ কথা আছে; আমি তোমার ওটা ভাল করে দিচ্ছি।’ এই ব’লে, মথুরকে ব’লে ঘরের ভেতর চিঁড়ে মুড়কি থেকে সন্দেশ, রসগোল্লা, লুচি অবধি যত রকম খাবার আছে, সব থরে থরে সাজিয়ে রাখলে আর বল্লে, ‘বাবা, তুমি এই ঘরে দিন-রাত্তির থাক আর যখন যা ইচ্ছে হবে তখনই তা খাও।’ সেই ঘরে থাকি, বেড়াই; সেই সব খাবার দেখি, নাড়ি-চাড়ি; কখনও এটা থেকে কিছু খাই, কখনও ওটা থেকে কিছু খাই—এই রকমে তিন দিন কেটে যাবার পর সে বিপরীত ক্ষুধা ও খাইবার ইচ্ছাটা চলে গেল, তবে বাঁচি।”
যোগসাধনার ফলে ওইসব অবস্থার উদয়, ঠাকুরের ওইরকম ক্ষুধা-সম্বন্ধে আমরা যা দেখেছি
যোগের, বা ঈশ্বরে মন তন্ময় হয়ে থাকার, অবস্থাটা সহজ হয়ে আসার আগে এবং কখনও কখনও পরেও এমন বিপরীত ক্ষুধাদির উদ্রেকের কথা সাধকদের জীবনে শুনেছি এবং ঠাকুরের জীবনেও অনেকবার পরিচয় পেয়ে অবাক হয়েছি। তবে ঠাকুরের সম্বন্ধে আমরা যা দেখেছি, সেটা একটু অন্য প্রকারের অবস্থা। আগের সেই সময়ের মতো তখন ঠাকুর নিরন্তর ওইরকম ক্ষুধায় কাতর থাকতেন না। কিন্তু সহজাবস্থায় সচরাচর তিনি যতটা খেতেন তার চারগুণ বা তারও বেশি খাবার ভাবাবস্থায় উদরস্থ করলেন, অথচ সেজন্য কোনোই শারীরিক অসুস্থতা হল না—এমনটাই হতে দেখেছি। এমন দু-একটি ঘটনার কথা এখানে উল্লেখ করলে পাঠক তা সহজেই বুঝতে পারবেন।
১ম দৃষ্টান্ত—বড় একখানি সর খাওয়া
এর আগে এ বিষয়ের আভাস আমরা পাঠককে দিয়েছি।[1] পাঠকের মনে থাকতে পারে, বাগবাজারের কয়েকজন ভদ্রমহিলা ভোলা ময়রার দোকান থেকে একখানি বড় সর নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে যান, সেখানে তাঁর দর্শন না পেয়ে কোনোরকমে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা ‘মাস্টার’ মহাশয়ের বাড়িতে এসে ঠাকুরের দর্শন পান, শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়—ঠাকুর যাঁকে ‘মোটা বামুন’ বলতেন—হঠাৎ সেখানে এসে পড়েন এবং ঠাকুর যে তক্তাপোশের উপর বসেছিলেন সেই মহিলারা তারই তলায় লুকিয়ে থাকেন—এমন সব কথা আমরা আগে এক জায়গায়, স্ত্রীভক্তদের সঙ্গে ঠাকুরের লীলাপ্রসঙ্গে, লিপিবদ্ধ করেছি; সে রাতে ঠাকুর খাওয়াদাওয়ার পর দক্ষিণেশ্বরে এসে আবার কীভাবে ক্ষুধায় কাতর হয়ে স্ত্রীভক্তদের আনা বড় সরখানির প্রায় সমস্তটাই খেয়ে ফেলেন, সে কথাও আমরা পাঠককে বলেছি। এখন ওইরকম আরও কয়েকটি ঘটনার উল্লেখ আমরা এখানে করব। কয়েকটি ঘটনার কথাই বলব, কারণ ঠাকুরের জীবনে এমন ঘটনা রোজই ঘটত। অতএব এ বিষয়ের সব ঘটনা লিপিবদ্ধ করা অসম্ভব।
২য় দৃষ্টান্ত—কামারপুকুরে এক সের মিষ্টান্ন ও মুড়ি খাওয়া
ম্যালেরিয়ার প্রথম আগমন ও প্রকোপে ‘সুজলা সুফলা শস্যশ্যামলা’ বঙ্গের অধিকাংশ অঞ্চল, বিশেষত রাঢ়ভূমি বিধ্বস্ত ও জনশূন্য হওয়ার আগে পর্যন্ত হুগলী, বর্ধমান প্রভৃতি জেলার স্বাস্থ্য যে ভারতের উত্তর-পশ্চিম প্রদেশগুলির চেয়ে কোনো অংশে খারাপ ছিল না, এ কথা এখনও প্রবীণদের মুখে শুনতে পাওয়া যায়। তাঁরা বলেন, লোকে তখন বর্ধমান প্রভৃতি জায়গায় হাওয়া বদলাতে যেত। কামারপুকুর বর্ধমান থেকে বারো-তেরো ক্রোশ দূরে অবস্থিত। সে জায়গার জলবায়ুও তখন বিশেষ স্বাস্থ্যকর ছিল। বারো বছর অদৃষ্টপূর্ব কঠোর তপস্যায় এবং পরেও নিরন্তর শরীরের দিকে লক্ষ না রেখে ‘ভাবমুখ’-এ থাকায় ঠাকুরের বজ্রসম দৃঢ় শরীরও যে ক্রমে ক্রমে পরিশ্রমে অপটু এবং কখনও কখনও প্রবল রোগে আক্রান্ত হয়ে পড়েছিল, এ কথা আমরা আগেই বলেছি। সেজন্য ঠাকুর সাধনকালের পরে প্রতি বছর চাতুর্মাস্যের সময়টা জন্মভূমি কামারপুকুর অঞ্চলেই কাটিয়ে আসতেন। পরম অনুগত সেবক ভাগনে হৃদয় তাঁর সঙ্গে যেত এবং মথুরবাবু যাওয়া-আসার সমস্ত খরচ তো জোগাতেনই, পল্লিগ্রামে পাছে তাঁর কোনো কিছুর অভাব হয়, এজন্য সংসারের দরকারি যত কিছু জিনিস তাঁর সঙ্গে পাঠিয়ে দিতেন। শুনেছি, লোকে মেয়েকে প্রথম শ্বশুরবাড়ি পাঠানোর সময় যেমন প্রদীপের সলতেটি এবং খাওয়ার পরের খড়কে-কাঠিটি পর্যন্ত সঙ্গে দেয়, মথুরবাবু ও তাঁর পরম ভক্তিমতী গৃহিণী শ্রীমতী জগদম্বা দাসী ঠাকুরকে কামারপুকুরে পাঠাতে গিয়ে অনেক সময় সেইভাবেই ‘ঘর বসত’ সঙ্গে দিয়ে দিতেন। কারণ এ কথা তাঁদের অজানা ছিল না যে, কামারপুকুরে ঠাকুরের সংসার যেন শিবের সংসার। সঞ্চয়ের নামগন্ধ ঠাকুরের পিতৃ-পিতামহের কাল থেকেই ছিল না। সৎপথে থেকে যা জোটে তা-ই খাওয়া এবং ৺রঘুবীরের নামে দেওয়া মাত্র দেড় বিঘা জমিতে যে ধান হয় তাতেই সারা বছর সংসার চালানো ওই পরিবারের রীতি ছিল! গ্রামের মুদির দোকানই এ পবিত্র দেব-সংসারের ভাণ্ডার-স্বরূপ। যদি বিদায়-আদায়ে কিছু পয়সা-কড়ি পাওয়া গেল তবেই সে ভাণ্ডার থেকে সংসারের দরকারি তরি-তরকারি তেল-নুন সেদিনের মতো বেরোল, নইলে পুকুরের পাড়ের অযত্নলভ্য শাকান্নে আনন্দে জীবনধারণ। আর সব সময়ে সব বিষয়ে যা করেন জীবন্ত জাগ্রত কুলদেবতা ৺রঘুবীর। এসব কথা জানা ছিল বলেই মথুরবাবু কয়েক বিঘা ধানজমি শ্রীশ্রীরঘুবীরের নামে কিনে দিতে আগ্রহী হয়েছিলেন এবং ঠাকুরকে দেশে পাঠানোর সময় সংসারের দরকারি সব জিনিস তাঁর সঙ্গে দিয়ে দিতেন।
আগেই বলেছি, ঠাকুর তখন চাতুর্মাস্যের সময় কামারপুকুরে আসতেন। প্রায় প্রতি বছরই আসতেন। ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের সময় এভাবে এক বছর এসে জ্বররোগে বিশেষ কষ্ট পান—সেই থেকে আর দেশে যাবেন না বলে সংকল্প করেন এবং আর সেখানে যানওনি। ঠাকুরের তিরোভাবের আট-দশ বছর আগে তিনি এই সংকল্প করেছিলেন। যা হোক, এ বছর তিনি আগের মতোই কামারপুকুরে এসে রয়েছেন। তাঁকে দেখার ও তাঁর ধর্মালাপ শোনার জন্য বাড়িতে প্রতিবেশী স্ত্রীপুরুষের ভিড় লেগেই আছে। আনন্দের হাট-বাজার বসেছে। বাড়ির স্ত্রীলোকেরা তাঁকে পেয়ে মনের আনন্দে তাঁর এবং তাঁকে দেখতে আসা সকলের সেবা-পরিচর্যায় লেগে আছেন। দিনের পর দিন, সুখের দিন কোথা দিয়ে যে কেটে যাচ্ছে তা কেউ টের পাচ্ছে না। বাড়িতে তখন ঠাকুরের ভাইপো শ্রীযুক্ত রামলালদাদার পূজনীয়া মাতাঠাকুরানীই গৃহিণী, আর ছিলেন তাঁর কন্যা শ্রীমতী লক্ষ্মীদিদি ও পরমারাধ্যা শ্রীশ্রীমাতাঠাকুরানী।
রাত প্রায় এক প্রহর হয়েছে। প্রতিবেশী স্ত্রীপুরুষেরা রাতের মতো বিদায় নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। ঠাকুরের কয়েক দিন ধরে অগ্নিমান্দ্য ও পেটের অসুখ হয়েছে, সেজন্য রাতে সাগু-বার্লি ছাড়া অন্য কিছুই খান না। আজও রাতে দুধ-বার্লি খেয়ে শুলেন। বাড়ির স্ত্রীলোকেরা তাঁর খাওয়া ও শোয়ার পর নিজেরা খাওয়াদাওয়া করলেন এবং সংসারের রাতের কাজকর্ম সেরে এইবার শোবার জোগাড় করছিলেন।
হঠাৎ ঠাকুর তাঁর শোবার ঘরের দরজা খুলে ভাবাবেশে টলমল করতে করতে বাইরে এলেন এবং রামলালদাদার মা ও অন্য সকলকে ডেকে বলতে লাগলেন—“তোমরা সব শুলে যে? আমাকে কিছু খেতে না দিয়ে শুলে যে?”
রামলালের মা—ওমা, সে কী গো? তুমি যে এই খেলে?
ঠাকুর— কৈ খেলুম? আমি তো এই দক্ষিণেশ্বর থেকে আসচি—কৈ খাওয়ালে?
স্ত্রীলোকেরা সকলে অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। বুঝলেন, ঠাকুর ভাবাবেশে এমন বলছেন। কিন্তু উপায়? ঘরে এখন আর এমন কোনো খাবারই নেই যা ঠাকুরকে খেতে দিতে পারেন! এখন উপায়? কাজেই রামলালদাদার মাকে ভয়ে ভয়ে বলতে হল—“ঘরে এখন তো আর কিছু খাবার নেই, কেবল মুড়ি আছে। তা মুড়ি খাবে? দুটি খাও না। তাতে পেটের অসুখ করবে না।” এই বলে থালায় করে মুড়ি এনে ঠাকুরের সামনে রাখলেন। ঠাকুর তা দেখে বালকের মতো রাগ করে পিছন ফিরে বসলেন ও বলতে লাগলেন—“শুধু মুড়ি আমি খাব না।” অনেক বোঝানো হল—“তোমার পেটের অসুখ, অপর কিছু তো খাওয়া চলবে না; আর দোকান-পসারও এ রাত্রে সব বন্ধ—সাগু-বার্লি যে কিনে এনে করে দেব তারও জো নেই। আজ এই দুটি খেয়ে থাক, কাল সকালে উঠেই ঝোল-ভাত রেঁধে দেব” ইত্যাদি; কিন্তু সে কথা শোনে কে? অভিমানী আবদেরে বালকের মতো ঠাকুরের সেই একই কথা—“ও আমি খাব না।”
কাজেই রামলালদাদা তখন বাইরে গিয়ে ডাকাডাকি করে দোকানির ঘুম ভাঙালেন এবং এক সের মিঠাই কিনে আনলেন। সেই এক সের মিষ্টান্ন এবং সাধারণ মানুষ যত খেতে পারে তার চেয়ে বেশি মুড়ি থালায় ঢেলে দেওয়া হলে তবে ঠাকুর আনন্দ করে খেতে বসলেন এবং সে সবই নিঃশেষে খেয়ে ফেললেন। তখন বাড়ির সকলের ভয়—‘এই পেট-রোগা মানুষ, মাসের মধ্যে অর্ধেক দিন সাগু-বার্লি খেয়ে থাকা, আর এই রাত্রে এই সব খাওয়া! কাল একটা কাণ্ড হবে আর কি!’ কিন্তু কী আশ্চর্য, দেখা গেল পরদিন ঠাকুরের শরীর বেশ আছে, রাতে খাওয়ার জন্য কোনোরকম অসুস্থতাই নেই।
৩য় দৃষ্টান্ত—জয়রামবাটীতে একটি মৌরলা মাছ দিয়ে এক রেক চালের পান্তাভাত খাওয়া
আর একবার সেইরকমই কামারপুকুর অঞ্চলে বাস করার সময় ঠাকুরকে তাঁর শ্বশুরবাড়ি জয়রামবাটী গ্রামে নিয়ে যাওয়া হয়। রাতের খাওয়াদাওয়া সেরে শোবার কিছুক্ষণ পরে ঠাকুর উঠে বললেন—“বড় ক্ষুধা পেয়েছে।” বাড়ির মেয়েরা ভেবে আকুল—কী খেতে দেবে, ঘরে কিছুই নেই। কারণ সেদিন বাড়িতে পূর্বপুরুষদের কারও বাৎসরিক শ্রাদ্ধ বা ওইরকম একটা কিছু ক্রিয়াকর্ম হয়েছিল এবং সেজন্য বাড়িতে অনেক লোক আসায় সবরকম খাবারদাবারই নিঃশেষে ফুরিয়ে গিয়েছিল। শুধু হাঁড়িতে কতকগুলো পান্তাভাত ছিল। শ্রীশ্রীমাতাঠাকুরানী ঠাকুরকে ভয়ে ভয়ে সে কথা জানালে ঠাকুর বললেন, “তাই নিয়ে এস।” তিনি বললেন—“কিন্তু তরকারি তো নাই।”
ঠাকুর— দেখ না খুঁজে-পেতে; তোমরা ‘মাছ চাটুই’ (ঝাল-হলুদে মাছ) করেছিলে তো? দেখ না, তার একটু আছে কি না।
শ্রীশ্রীমাতাঠাকুরানী খুঁজে দেখলেন, সেই পাত্রে একটি ছোট মৌরলা মাছ ও একটু কাই কাই রস লেগে আছে। অগত্যা তাই আনলেন। দেখে ঠাকুরের আনন্দ! সেই রাতে সেই পান্তাভাত খেতে বসলেন এবং ওই একটি ছোট মাছ দিয়ে এক রেক চালের ভাত খেয়ে শান্ত হলেন।
৪র্থ দৃষ্টান্ত—দক্ষিণেশ্বরে রাত্রি দু-প্রহরে এক সের হালুয়া খাওয়া
দক্ষিণেশ্বরে থাকার সময়েও মধ্যে মধ্যে এমন হত। একদিন এভাবেই প্রায় রাত্রি দুই প্রহরের সময় উঠে ঠাকুর রামলালদাদাকে ডেকে বললেন, “ওরে ভারি ক্ষুধা পেয়েছে, কী হবে?”
ঘরে অন্যদিন কত মিষ্টি-মিঠাই মজুত থাকে, সেদিন খুঁজে দেখা গেল, কিছুই নেই! অগত্যা রামলালদাদা নহবতখানার কাছে গিয়ে শ্রীশ্রীমাতাঠাকুরানী ও তাঁর সঙ্গে যে সব স্ত্রী-ভক্ত ছিলেন, তাঁদের সেই সংবাদ দিলেন। তাঁরা শশব্যস্তে উঠে খড়কুটো দিয়ে উনুন জ্বেলে একটি বড় পাথরবাটির পুরোপুরি এক বাটি, প্রায় এক সের আন্দাজ হালুয়া তৈরি করে ঠাকুরের ঘরে পাঠিয়ে দিলেন। একজন স্ত্রী-ভক্তই সেটি নিয়ে এলেন। স্ত্রী-ভক্তটি ঘরে প্রবেশ করেই চমকে উঠে দেখলেন, ঘরের কোণে মিটমিট করে প্রদীপ জ্বলছে, ঠাকুর ঘরের ভিতর ভাবাবিষ্ট হয়ে পায়চারি করছেন এবং ভাইপো রামলাল কাছে বসে আছে। সেই ধীর স্থির নীরব নিশীথে ঠাকুরের গম্ভীর ভাবোজ্জ্বল বদন, সেই উন্মাদবৎ মাতোয়ারা নগ্ন বেশ ও বিশাল নয়নে স্থির অন্তর্মুখী দৃষ্টি—যার সমক্ষে সমগ্র বিশ্বসংসার ইচ্ছামাত্রেই সমাধিতে লুপ্ত হয়ে আবার ইচ্ছামাত্রেই প্রকাশিত হত—সেই অনন্যমনে গুরুগম্ভীর পাদবিক্ষেপ ও উদ্দেশ্যবিহীন সানন্দ বিচরণ দেখেই স্ত্রী-ভক্তটির হৃদয় কী এক অপূর্ব ভাবে পূর্ণ হল! তাঁর মনে হতে লাগল, ঠাকুরের শরীর যেন দৈর্ঘ্যে প্রস্থে বেড়ে কত বড় হয়েছে। তিনি যেন এ পৃথিবীর লোক নন! যেন ত্রিদিবের কোনো দেবতা নরশরীর পরিগ্রহ করে দুঃখ-হাহাকার-পূর্ণ নরলোকে রাত্রির তিমিরাবরণে গুপ্তভাবে লুকিয়ে নির্ভীক পদসঞ্চারে বিচরণ করছেন এবং কেমন করে এ শ্মশানভূমিকে দেবভূমিতে পরিণত করবেন, করুণাপূর্ণ হৃদয়ে তার উপায় নির্ধারণে অনন্যমনা হয়ে রয়েছেন! যে ঠাকুরকে সর্বদা দেখেন, ইনি সেই ঠাকুর নন। স্ত্রী-ভক্তটির শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এবং কাছে যেতে একটা অব্যক্ত ভয় হতে লাগল।
ঠাকুরের বসার জন্য রামলাল আগে থেকেই আসন পেতে রেখেছিলেন। স্ত্রী-ভক্তটি কোনোমতে গিয়ে সেই আসনের সামনে হালুয়ার বাটিটা রাখলেন। ঠাকুর খেতে বসলেন এবং ক্রমে ক্রমে ভাবের ঘোরে সে সমস্ত হালুয়াই খেয়ে ফেললেন। ঠাকুর কি স্ত্রী-ভক্তের মনের ভাব বুঝতে পেরেছিলেন? কে জানে! কিন্তু স্ত্রী-ভক্তটি নির্বাক হয়ে তাঁকে দেখছেন দেখে খেতে খেতে জিজ্ঞাসা করলেন—“বল দেখি, কে খাচ্চে? আমি খাচ্চি, না আর কেউ খাচ্চে?”
স্ত্রী-ভক্ত— আমার মনে হচ্চে, আপনার ভিতরে যেন আর একজন কে রয়েছেন, তিনিই খাচ্চেন।
ঠাকুর ‘ঠিক বলেছ’ বলে হাসতে লাগলেন।
প্রবল মনোভাবে ঠাকুরের শরীর পরিবর্তিত হওয়া
এরকম অনেক ঘটনার উল্লেখ করা যেতে পারে। দেখা যায়, প্রবল মানসিক ভাবতরঙ্গে সেই সব সময়ে ঠাকুরের শরীরে এতটা পরিবর্তন আসত যে, তাঁকে তখন যেন আর এক ব্যক্তি বলে বোধ হত এবং তাঁর চাল-চলন, আহার-বিহার, ব্যবহার প্রভৃতি সব বিষয়ই যেন অন্যরকম হয়ে যেত। অথচ এমন বিপরীত আচরণেও ভাবভঙ্গের পরে শরীরে কোনো বিকার দেখা যেত না। ভিতরে অবস্থিত মনই যে আমাদের স্থূল শরীরটাকে সর্বক্ষণ ভাঙছে, গড়ছে, নতুন করে নির্মাণ করছে—এ বিষয়টি আমরা জেনেও জানি না, শুনেও বিশ্বাস করি না। কিন্তু বাস্তবিকই যে তাই হচ্ছে, এ অদ্ভুত ঠাকুরের জীবনের এই সামান্য ঘটনাগুলির আলোচনা থেকেও আমরা তার বেশ প্রমাণ পাই। কিন্তু থাক এখন ও কথা, আমরা আগের কথাতেই ফিরে যাই।
বৈষ্ণবচরণের আগমনে দক্ষিণেশ্বরে পণ্ডিতসভা
কেউ কেউ বলেন, ভৈরবী ব্রাহ্মণীর মুখেই বৈষ্ণবচরণের কথা মথুরবাবু প্রথম জানতে পারেন এবং তাঁকে আনিয়ে ঠাকুরের আধ্যাত্মিক অবস্থাগুলি শারীরিক কোনো ব্যাধির সঙ্গে যে জড়িত নয়, তা পরীক্ষা করবেন বলে মনস্থ করেন। যাই হোক, কিছুদিন পরে বৈষ্ণবচরণ নিমন্ত্রিত হয়ে দক্ষিণেশ্বরে এলেন। সেদিন যে একটি ছোটখাটো পণ্ডিতসভার আয়োজন হয়েছিল, তা আমরা অনুমান করতে পারি। বৈষ্ণবচরণের সঙ্গে কয়েকজন ভক্ত সাধক ও পণ্ডিত নিশ্চয়ই দক্ষিণেশ্বরে এসেছিলেন; তার উপর বিদুষী ব্রাহ্মণী ও মথুরবাবুর দলবল, সকলে ঠাকুরের জন্য একত্র হয়েছিলেন; সেইজন্যই সভা বলছি।
ঠাকুরের অবস্থা-সম্বন্ধে সেই সভায় আলোচনা
এবার ঠাকুরের অবস্থা সম্বন্ধে আলোচনা চলল। ব্রাহ্মণী ঠাকুরের অবস্থা সম্বন্ধে যা লোকমুখে শুনেছেন এবং যা নিজের চোখে দেখেছেন, সেই সমস্তের উল্লেখ করে ভক্তিপথের পূর্ব পূর্ব প্রসিদ্ধ আচার্যদের জীবনে যে সব অনুভব এসেছিল, শাস্ত্রে লিপিবদ্ধ সেই সব কথার সঙ্গে ঠাকুরের এই সময়ের অবস্থা মিলিয়ে নিজের মত প্রকাশ করলেন যে, দুই-ই একজাতীয় অবস্থা। বৈষ্ণবচরণকে সম্বোধন করে বললেন, “আপনি যদি এ বিষয়ে অন্যরকম বিবেচনা করেন, তাহলে ওরকম কেন ভাবছেন, তা আমাকে বুঝিয়ে দিন।” মাতা যেমন নিজের সন্তানকে রক্ষা করতে বীরদর্পে দাঁড়ান, ব্রাহ্মণীও যেন আজ তেমনই কোনো দৈববলে বলশালী হয়ে ঠাকুরের পক্ষ সমর্থন করতে অগ্রসর হয়েছেন। আর ঠাকুর—যাঁর জন্য এত কাণ্ড হচ্ছে? আমরা যেন চোখের সামনে দেখছি, ঠাকুর বাদানুবাদে নিবিষ্ট সেই সব লোকের ভিতর আলুথালু ভাবে বসে ‘আপনাতে আপনি’ আনন্দ অনুভব করছেন ও হাসছেন, আবার কখনও বা কাছের বেটুয়াটি থেকে দুটি মৌরি বা কাবাবচিনি মুখে দিয়ে তাঁদের কথাবার্তা এমনভাবে শুনছেন, যেন সে সব কথা অন্য কারও সম্বন্ধে হচ্ছে! আবার কখনও বা বৈষ্ণবচরণের অঙ্গ স্পর্শ করে নিজের অবস্থার বিষয়ে কোনো কথা তাঁকে বলছেন—“ওগো, এই রকমটা হয়।”
ঠাকুরের অবস্থা-সম্বন্ধে বৈষ্ণবচরণের সিদ্ধান্ত
কেউ কেউ বলেন, বৈষ্ণবচরণ সাধনপ্রসূত সূক্ষ্মদৃষ্টির সাহায্যে ঠাকুরকে দেখামাত্রই মহাপুরুষ বলে চিনতে পেরেছিলেন। কিন্তু পারুন আর নাই পারুন, এ ক্ষেত্রে সব কথা শুনে তিনি ঠাকুরের সম্বন্ধে ব্রাহ্মণীর সব কথাই যে মনেপ্রাণে অনুমোদন করেন, এ কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনেছি। শুধু তাই নয়—বলেছিলেন, যে প্রধান প্রধান উনিশ প্রকার ভাব বা অবস্থার সম্মিলনকে ভক্তিশাস্ত্র ‘মহাভাব’ বলে অভিহিত করেছেন এবং যা কেবল একমাত্র ভাবময়ী শ্রীরাধিকা ও ভগবান শ্রীচৈতন্যদেবের জীবনেই এ পর্যন্ত দেখা গেছে, কী আশ্চর্য, তার সব লক্ষণই (ঠাকুরকে দেখিয়ে) এঁর মধ্যে প্রকাশ পেয়েছে বলে বোধ হচ্ছে! জীবের ভাগ্যক্রমে যদি কখনও জীবনে মহাভাবের আভাস দেখা দেয়, তবে ওই উনিশ প্রকারের অবস্থার ভিতর বড়জোর দু-পাঁচটা অবস্থাই প্রকাশ পায়। জীবের শরীর ওই উনিশ প্রকার ভাবের উদ্দাম বেগ কখনোই ধারণ করতে পারেনি এবং শাস্ত্র বলেন, পরেও কখনও ধারণ করতে পারবে না। মথুর প্রভৃতি উপস্থিত সকলে বৈষ্ণবচরণের কথা শুনে একেবারে অবাক! ঠাকুরও স্বয়ং বালকের মতো বিস্ময় ও আনন্দে মথুরকে বললেন, “ওগো, বলে কী? যা হোক, বাপু, রোগ নয় শুনে মনটায় আনন্দ হচ্ছে।”
কর্তাভজাদি সম্প্রদায়-সম্বন্ধে ঠাকুরের মত
ঠাকুরের অবস্থা সম্বন্ধে এমন মত বৈষ্ণবচরণ যে নিছক একটা কথার কথা হিসেবে প্রকাশ করেননি, তার প্রমাণ আমরা পাই সেদিন থেকে ঠাকুরের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যাওয়াতেই। তখন থেকে তিনি ঠাকুরের দিব্য সঙ্গসুখের জন্য প্রায়ই মধ্যে মধ্যে দক্ষিণেশ্বরে আসতে থাকেন, নিজের গোপনীয় রহস্যসাধনগুলির কথা ঠাকুরকে বলে তাঁর মতামত নেন এবং কখনও কখনও নিজের সাধনপথের সহচর ভক্ত-সাধকেরাও যাতে ঠাকুরের সঙ্গে পরিচিত হয়ে বৈষ্ণবচরণের মতো কৃতার্থ হতে পারেন, সেজন্য তাঁদের কাছেও তাঁকে বেড়াতে নিয়ে যান। পবিত্রতার ঘনীভূত প্রতিমা-সদৃশ দেবস্বভাব ঠাকুর এঁদের সঙ্গে মিশে এবং এঁদের জীবন ও গুপ্ত সাধনপ্রণালীগুলি জেনেই এ বিষয়টি হৃদয়ঙ্গম করার সুযোগ পেয়েছিলেন যে, সাধারণ দৃষ্টিতে দূষণীয় এবং নিন্দার্হ অনুষ্ঠানগুলিও যদি কেউ ‘ভগবান-লাভের জন্য করছি’, ঠিক ঠিক এই ভাব হৃদয়ে ধারণ করে সাধন বলে অনুষ্ঠান করে, তবে সেগুলি করেও সে অধঃপাতে না গিয়ে কালে ক্রমশ ত্যাগ ও সংযমের অধিকারী হয়ে ধর্মপথে অগ্রসর হয় ও ভগবদ্ভক্তি লাভ করে। তবে প্রথম প্রথম সেই সব অনুষ্ঠানের কথা শুনে এবং কিছু কিছু স্বচক্ষে দেখে ঠাকুরের মনে ‘এঁরা সব বড় বড় কথা বলে অথচ এমন সব হীন অনুষ্ঠান করে কেন?’ —এরকম ভাবও জেগেছিল, এ কথা আমরা তাঁর শ্রীমুখ থেকে অনেকবার শুনেছি। কিন্তু পরিশেষে এঁদের ভিতরে যাঁরা যথার্থ সরল-বিশ্বাসী ছিলেন, তাঁদের আধ্যাত্মিক উন্নতি হতে দেখে ঠাকুর যে মত পরিবর্তন করেছিলেন, সে কথাও আমরা তাঁরই কাছে শুনেছি। ওই সব সাধনপথাবলম্বীদের উপর আমাদের বিদ্বেষবুদ্ধি দূর করার জন্য ঠাকুর এ বিষয়ে তাঁর ধারণা আমাদের কাছে কখনও কখনও এইভাবে প্রকাশ করতেন—“ওরে দ্বেষবুদ্ধি করবি কেন? জানবি ওটাও একটা পথ, তবে অশুদ্ধ পথ। বাড়িতে ঢোকবার যেমন নানা দরজা থাকে—সদর ফটক থাকে, খিড়কির দরজা থাকে, আবার বাড়ির ময়লা সাফ করবার জন্য বাড়ির ভেতর মেথর ঢোকবারও একটা দরজা থাকে—এও জানবি তেমনি একটা পথ। যে যেদিক দিয়েই ঢুকুক না কেন, বাড়ির ভিতরে ঢুকলে সকলে এক স্থানে পৌঁছায়। তা বলে কি তোদের ঐরূপ করতে হবে? না—ওদের সঙ্গে মিশতে হবে? তবে দ্বেষ করবি না।”
প্রবৃত্তিপূর্ণ মানব কেমন ধর্ম চায়
প্রবৃত্তিপূর্ণ মানবমন কি সহজে নিবৃত্তিপথে আসে? সহজে কি সে শুদ্ধ সরলভাবে ঈশ্বরকে ডাকতে ও তাঁর শ্রীপাদপদ্ম লাভ করতে অগ্রসর হয়? শুদ্ধতার ভিতরে সে কিছু কিছু অশুদ্ধতা স্বেচ্ছায় ধরে রাখতে চায়; কামকাঞ্চন ত্যাগ করেও তার একটু আধটু গন্ধ প্রিয় বোধ করে; অশেষ কষ্ট স্বীকার করে শুদ্ধভাবে জগদম্বার পূজা করতে হবে, এ কথা লিপিবদ্ধ করার পরেই তাঁর সন্তোষের জন্য বিপরীত কামভাবসূচক সংগীত গাওয়ার বিধান পূজাপদ্ধতির ভিতর ঢুকিয়ে রাখে! এতে বিস্মিত হওয়ার বা নিন্দা করার কিছুই নেই। তবে এটাই বোঝা যায় যে, অনন্তকোটিব্রহ্মাণ্ড-নায়িকা মহামায়ার প্রবল প্রতাপে দুর্বল মানব কামকাঞ্চনের কী বজ্র-বন্ধনেই আবদ্ধ রয়েছে! বোঝা যায় যে, তিনি এ বন্ধন কৃপা করে না ঘোচালে জীবের মুক্তিলাভ একান্ত অসাধ্য। বোঝা যায় যে, তিনি কাকে কোন পথ দিয়ে মুক্তিপথে অগ্রসর করে দিচ্ছেন, তা মানববুদ্ধির অগম্য। আর নিজের অন্তরের কথা তন্ন তন্ন করে জেনে নিয়ে তার সঙ্গে তুলনা করে এ অদ্ভুত ঠাকুরের জীবনরহস্য পাঠ করতে বসলে স্পষ্ট বোঝা যায় যে, ইনি এক অপূর্ব, অমানব, পুরুষোত্তম পুরুষ, যিনি স্বেচ্ছায় লীলায় বা আমাদের প্রতি করুণায় আমাদের এ হীন সংসারে কিছু কালের জন্য—বহির্দৃষ্টে দীনের দীনভাবে হলেও জ্ঞানদৃষ্টে—রাজরাজেশ্বরের মতো বাস করে গিয়েছেন।
তন্ত্রোৎপত্তির ইতিহাস ও তন্ত্রের নতুনত্ব
বৈদিক যুগের যাগযজ্ঞাদিপূর্ণ কর্মকাণ্ডে যোগের সঙ্গে ভোগের মিলন ছিল; রূপরসাদি সব বিষয়ের নিয়মবদ্ধ ভোগ দেবতার উপাসনা করে লাভ করাই মানবজীবনের উদ্দেশ্য বলে নির্দিষ্ট ছিল। সেই সব যাগযজ্ঞাদির অনুষ্ঠান করতে করতে মানবমন যখন অনেকটা বাসনাবর্জিত হয়ে আসত, তখনই সে উপনিষদুক্ত শুদ্ধা ভক্তির সঙ্গে ঈশ্বরের উপাসনা করে কৃতার্থ হত। কিন্তু বৌদ্ধযুগে চেষ্টা হল অন্য প্রকারের। অরণ্যবাসী বাসনাশূন্য সাধকদের শুদ্ধ উপাসনা ভোগবাসনাপূর্ণ সংসারী মানবকে নির্বিশেষে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত হল। তৎকালীন রাজ্যশাসনও বৌদ্ধ যতিদের সেই চেষ্টায় সহায়তা করতে লাগল। ফলে দাঁড়াল, যে বৈদিক যাগযজ্ঞাদি প্রবৃত্তিমার্গে স্থিত মানবমনকে নিয়মবদ্ধ ভোগাদি দিতে দিতে ধীরে ধীরে যোগের নিবৃত্তিমার্গে উপনীত করছিল, বাইরে তার উচ্ছেদ হল, কিন্তু ভিতরে ভিতরে নীরব নিশীথে জনশূন্য বিভীষিকাপূর্ণ শ্মশানাদি চত্বরে অনুষ্ঠেয় তন্ত্রোক্ত গুপ্ত সাধনপ্রণালীরূপে তার প্রকাশ ঘটল। তন্ত্রে আছে, মহাযোগী মহেশ্বর বৈদিক অনুষ্ঠানগুলি নির্জীব হয়ে গিয়েছে দেখে সেগুলিকে পুনরায় সজীব করে ভিন্ন আকারে তন্ত্ররূপে প্রকাশ করলেন। এই প্রবাদে বাস্তবিকই মহা সত্য নিহিত রয়েছে। কারণ, তন্ত্রে বৈদিক ক্রিয়াকাণ্ডের মতো যোগের সঙ্গে ভোগের সম্মিলন তো দেখা যায়ই, তা ছাড়া এও দেখা যায় যে, বৈদিক কর্মকাণ্ডগুলি যেমন উপনিষদের জ্ঞানকাণ্ড থেকে সুদূরে পৃথকভাবে অবস্থান করছিল, তান্ত্রিক অনুষ্ঠানগুলি তেমন নয়, তাদের প্রতিটি ক্রিয়াই অদ্বৈত জ্ঞানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে। দেখো না—তুমি কোনো দেবতার পূজা করতে বসলে সবার আগে কুলকুণ্ডলিনীকে মস্তকস্থ সহস্রারে তুলে ঈশ্বরের সঙ্গে অদ্বৈতভাবে অবস্থানের চিন্তা তোমায় করতে হবে; পরে এই চিন্তাই করতে হবে যে, তুমি আবার তাঁর থেকে ভিন্ন হয়ে জীবভাব ধারণ করলে এবং ঈশ্বরজ্যোতিঃ ঘনীভূত হয়ে তোমার পূজ্য দেবতারূপে প্রকাশিত হলেন, এবং তুমি তাঁকে তোমার ভিতর থেকে বাইরে এনে পূজা করতে বসলে। মানবজীবনের যথার্থ উদ্দেশ্য—প্রেমে ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে যাওয়ার কী সুন্দর চেষ্টাই না ওই ক্রিয়ায় দেখা যায়! অবশ্য হাজারে হয়তো একজন উন্নত উপাসক ওই ক্রিয়াটি ঠিক ঠিক করতে পারেন; কিন্তু সকলেই তা করার অল্পবিস্তর চেষ্টাও তো করে, এতেই বিশেষ লাভ—কারণ, এভাবে করতে করতেই তারা ধীরে ধীরে উন্নত হবে। তন্ত্রের প্রতিটি ক্রিয়ার সঙ্গেই এভাবে অদ্বৈত জ্ঞানের ভাব মিশে থেকে সাধককে চরম লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দেয়। এটাই বৈদিক ক্রিয়াকলাপের তুলনায় তন্ত্রোক্ত সাধনপ্রণালীর নতুনত্ব এবং এইজন্যই ভারতের জনসাধারণের মনে তা এতটা প্রভুত্ব বিস্তার করেছে।
তন্ত্রে বীরাচারের প্রবেশের ইতিহাস
তন্ত্রের আর এক নতুনত্ব—জগৎকারণ মহামায়ার মাতৃত্বভাবের প্রচার এবং সঙ্গে সঙ্গে যাবতীয় স্ত্রী-মূর্তির উপর একটা শুদ্ধ পবিত্র ভাব আনা। বেদ পুরাণ ঘেঁটে দেখো, এ ভাবটি আর কোথাও নেই। এটি তন্ত্রের একেবারে নিজস্ব। বেদের সংহিতাভাগে স্ত্রী-শরীরের উপাসনার একটু আধটু বীজমাত্রই দেখতে পাওয়া যায়। যেমন, বিবাহকালে কন্যার ইন্দ্রিয়কে ‘প্রজাপতের্দ্বিতীয়ং মুখং’ বা সৃষ্টিকর্তার সৃষ্টি করার দ্বিতীয় মুখ বলে অভিহিত করে তা যাতে সুন্দর তেজস্বী গর্ভ ধারণ করে, সেজন্য ‘গর্ভং ধেহি সিনীবালি’ ইত্যাদি মন্ত্রে তাতে দেবতাদের উপাসনার এবং ওই ইন্দ্রিয়কে পবিত্রভাবে দেখার বিশেষ বিধান আছে। কিন্তু তা বলে কেউ যেন মনে না করেন, বৈদিক যুগ থেকেই যোনিলিঙ্গের উপাসনা ভারতে প্রচলিত ছিল। বাবিল-নিবাসী সুমের জাতি এবং তার শাখা দ্রাবিড় জাতির মধ্যেই স্থূলভাবে ওই উপাসনা যে প্রথম প্রচলিত ছিল, ইতিহাস তা প্রমাণ করেছে। ভারতীয় তন্ত্র বেদের কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ডের ভাব যেমন নিজের শরীরে প্রত্যেক অনুষ্ঠানের সঙ্গে সম্মিলিত করেছিল, তেমনি আবার অধিকারী-বিশেষের আধ্যাত্মিক উন্নতি ওই উপাসনার ভিতর দিয়েই সহজে হবে দেখে দ্রাবিড় জাতির ভিতরে সীমাবদ্ধ স্ত্রী-শরীরে উপাসনাটির স্থূলভাব অনেকটা উল্টে দিয়ে তার সঙ্গে আগে বলা বৈদিক যুগের উপাসনার উচ্চ আধ্যাত্মিক ভাবটি সম্মিলিত করে পূর্ণ বিকশিত করল; এবং এভাবে সেটিকেও নিজের অঙ্গে মিলিয়ে নিল। তন্ত্রে বীরাচারের উৎপত্তি এইভাবেই হয়েছিল বলে বোধ হয়। তন্ত্রকার কুলাচার্যেরা ঠিকই বুঝেছিলেন, প্রবৃত্তিপূর্ণ মানব স্থূল রূপরসাদির অল্পবিস্তর ভোগ করবেই করবে; কিন্তু যদি কোনোভাবে তার প্রিয় ভোগ্যবস্তুর উপর ঠিক ঠিক আন্তরিক শ্রদ্ধা জাগিয়ে দিতে পারেন, তবে সে কত ভোগ করবে করুক না—ওই তীব্র শ্রদ্ধাবলে অল্পদিনেই সংযমাদি আধ্যাত্মিক ভাবের অধিকারী হয়ে দাঁড়াবে, নিশ্চয়। সেজন্যই তাঁরা প্রচার করলেন—নারীশরীর পবিত্র তীর্থস্বরূপ, নারীতে মনুষ্যবুদ্ধি ত্যাগ করে দেবীবুদ্ধি সর্বদা রাখবে এবং জগদম্বার বিশেষ শক্তিপ্রকাশ ভাবনা করে সর্বদা স্ত্রী-মূর্তিতে ভক্তি-শ্রদ্ধা করবে; নারীর পাদোদক ভক্তিপরায়ণ হয়ে পান করবে এবং ভুল করেও কখনও নারীর নিন্দা বা নারীকে প্রহার করবে না। যথা –
যস্যাঃ অঙ্গে মহেশানি সর্বতীর্থানি সন্তি বৈ।
– পুরশ্চরণোল্লাসতন্ত্র, ১৪ পটল
শক্তৌ মনুষ্যবুদ্ধিস্তু যঃ করোতি বরাননে।
ন তস্য মন্ত্রসিদ্ধিঃ স্যাদ্বিপরীতং ফলং লভেৎ॥
– উত্তরতন্ত্র, ২য় পটল
শক্ত্যা পাদোদকং যস্তু পিবেদ্ভক্তিপরায়ণঃ।
উচ্ছিষ্টং বাপি ভুঞ্জীত তস্য সিদ্ধিরখণ্ডিতা॥
– নিগমকল্পদ্রুম
স্ত্রিয়ো দেবাঃ স্ত্রিয়ঃ পুণ্যাঃ স্ত্রিয় এব বিভূষণম্।
স্ত্রীদ্বেষো নৈব কর্তব্যস্তাসু নিন্দাং প্রহারকম্॥
– মুণ্ডমালাতন্ত্র, ৫ম পটল
প্রত্যেক তন্ত্রে উত্তম ও অধম দুই বিভাগ আছে
কিন্তু হলে কী হবে? কালে তান্ত্রিক সাধকদের ভিতরেও এমন একটা যুগ এসেছিল, যখন ঈশ্বরীয় জ্ঞানলাভ ছেড়ে তাঁরা সামান্য সামান্য মানসিক শক্তি বা সিদ্ধাই লাভেই মনোনিবেশ করেছিলেন। সেই সময়েই নানা প্রকার অস্বাভাবিক সাধনপ্রণালী ও ভূতপ্রেতাদির উপাসনা তন্ত্রশরীরে প্রবেশ করে তাকে বর্তমান আকার দিয়েছিল। প্রতিটি তন্ত্রের ভিতরেই সেজন্য উত্তম ও অধম, উচ্চ ও হীন—এই দুই স্তর দেখতে পাওয়া যায়। এবং দেখা যায়, উচ্চাঙ্গের ঈশ্বরোপাসনার সঙ্গে হীনাঙ্গের সাধনগুলিও সন্নিবেশিত রয়েছে। আর যার যেমন প্রকৃতি, সে এখন তন্ত্রের ভিতর থেকে সেই মতটি বেছে নেয়।
গৌড়ীয় বৈষ্ণব-সম্প্রদায়-প্রবর্তিত নতুন পূজা-প্রণালী
মহাপ্রভু শ্রীকৃষ্ণচৈতন্যের আবির্ভাবে আবার একটি নতুন পরিবর্তন তন্ত্রোক্ত সাধনপ্রণালীতে দেখা দেয়। তিনি ও তাঁর পরবর্তী বৈষ্ণবাচার্যেরা সাধারণের মধ্যে দ্বৈতভাবের বিস্তারকেই মঙ্গল বলে ধারণা করে তান্ত্রিক সাধনপ্রণালীর ভিতর থেকে অদ্বৈতভাবের ক্রিয়াগুলি অনেকাংশে বাদ দিয়ে কেবল তন্ত্রোক্ত মন্ত্রশাস্ত্র ও বাহ্যিক উপাসনাটি জনসাধারণের মধ্যে প্রচলিত করলেন। সেই উপাসনা ও পূজাদিতেও তাঁরা নবীন ভাব ফুটিয়ে তুলে আত্মবৎ দেবতার সেবা করার উপদেশ দিলেন। তান্ত্রিক দেবতাকুল নিবেদিত ফলমূল আহার্যাদি দৃষ্টিমাত্রেই সাধকের জন্য পূত করে দেন এবং তা গ্রহণ করলে সাধকের কামক্রোধাদি পশুভাবের বৃদ্ধি না হয়ে আধ্যাত্মিক ভাবই বৃদ্ধি পায়—এটাই সাধারণ বিশ্বাস। বৈষ্ণবাচার্যদের নব-প্রবর্তিত প্রণালীতে দেবতারা সেই সব আহার্যের সূক্ষ্মাংশ এবং সাধকের ভক্তির আতিশয্য ও আগ্রহনির্বন্ধে কখনও কখনও স্থূলাংশও গ্রহণ করেন—এমন বিশ্বাস প্রচলিত হল। উপাসনা-প্রণালীতে এভাবে আরও অনেক পরিবর্তন বৈষ্ণবাচার্যেরা করেন, তার মধ্যে প্রধান বোধ হয় এইটিই যে, তাঁরা যতদূর সম্ভব তন্ত্রোক্ত পশুভাবেরই প্রাধান্য স্থাপন করে বাহ্যিক শৌচাচারের পক্ষপাতী হয়েছিলেন এবং এই মত সাধারণের মধ্যে প্রচার করেছিলেন যে, আহারে শৌচ, বিহারে শৌচ, সব বিষয়ে শুচিশুদ্ধ থেকে ‘জপাৎ সিদ্ধির্জপাৎ সিদ্ধির্জপাৎ সিদ্ধির্নসংশয়ঃ’—নামই ব্রহ্ম, এই জ্ঞানে কেবলমাত্র শ্রীভগবানের নাম-জপের দ্বারাই জীব সিদ্ধকাম হবে।
সেই প্রণালী থেকে কালক্রমে কর্তাভজাদি মতের উৎপত্তি ও সেসবের সার কথা
কিন্তু তাঁরা এমন করলে কী হবে? তাঁদের তিরোভাবের অল্পদিন পরেই প্রবৃত্তিপূর্ণ মানবমন তাঁদের প্রবর্তিত শুদ্ধমার্গেও কলুষিত ভাব প্রবেশ করিয়ে ফেলল। সূক্ষ্ম ভাবটুকু ছেড়ে স্থূল বিষয় গ্রহণ করে বসল—পরকীয়া নায়িকার উপপতির প্রতি আন্তরিক টানটুকু নিয়ে ঈশ্বরে তা আরোপ না করে পরকীয়া স্ত্রীই গ্রহণ করে বসল এবং এভাবে তাঁদের প্রবর্তিত শুদ্ধযোগমার্গের ভিতরেও কিছু কিছু ভোগ প্রবেশ করিয়ে সেই মার্গকে কতকটা নিজের প্রবৃত্তির মতো করে নিল। তা না করেই বা সে করে কী? সে যে অত শুদ্ধভাবে চলতে অক্ষম। সে যে যোগ ও ভোগের মিশ্রিত ভাবই গ্রহণ করতে পারে। সে যে ধর্মলাভ চায়; কিন্তু সেইসঙ্গে একটু আধটু রূপরসাদি-ভোগেরও লালসা রাখে। সেইজন্যই বৈষ্ণব সম্প্রদায়ের ভিতর কর্তাভজা, আউল, বাউল, দরবেশ, সাঁই প্রভৃতি মতের উপাসনা ও গুপ্ত সাধনপ্রণালীগুলির উৎপত্তি। অতএব এসবের মূলে দেখতে পাওয়া যায় সেই বহু প্রাচীন বৈদিক কর্মকাণ্ডের প্রবাহ, সেই যোগ ও ভোগের সম্মিলন; আর দেখতে পাওয়া যায় সেই তান্ত্রিক কুলাচার্যদের প্রবর্তিত অদ্বৈতজ্ঞানের সঙ্গে প্রতিটি ক্রিয়ার সম্মিলনের কিছু কিছু ভাব।
কর্তাভজাদি মতে সাধ্য ও সাধনবিধি-সম্বন্ধে উপদেশ
কর্তাভজা প্রভৃতি সম্প্রদায়ের ঈশ্বর, মুক্তি, সংযম, ত্যাগ, প্রেম প্রভৃতি বিষয়ক কয়েকটি কথা এখানে উল্লেখ করলেই পাঠক আমাদের আগে বলা কথা সহজে বুঝতে পারবেন। ঠাকুর ওইসব সম্প্রদায়ের কথা বলতে বলতে অনেক সময় এগুলি আমাদের বলতেন। সরল ভাষায় ও ছন্দে লিপিবদ্ধ এই কথাগুলি অশিক্ষিত জনসাধারণকে ওইসব বিষয় বুঝতে কতটা সাহায্য করে, তা পাঠক সেগুলি শুনলেই বুঝতে পারবেন। ওইসব সম্প্রদায়ের লোকেরা ঈশ্বরকে ‘আলেকলতা’ বলে অভিহিত করেন। বলা বাহুল্য, সংস্কৃত ‘অলক্ষ্য’ কথাটি থেকেই ‘আলেক্’ কথাটির উৎপত্তি। সেই ‘আলেক্’ শুদ্ধসত্ত্ব মানবমনে প্রবেশ করে, বা সেই মন অবলম্বন করে প্রকাশিত হয়ে, ‘কর্তা’ বা ‘গুরু’রূপে আবির্ভূত হন। এমন মানবকে এঁরা ‘সহজ’ উপাধি দেন। যথার্থ গুরুভাবে ভাবিত মানবই এই সম্প্রদায়ের উপাস্য বলে নির্দিষ্ট হওয়ায় এর নাম ‘কর্তাভজা’ হয়েছে। ‘আলেকলতার’ স্বরূপ ও বিশুদ্ধ মানবে আবেশ সম্বন্ধে এঁরা এরকম বলেন –
আলেকে আসে, আলেকে যায়,
আলেকের দেখা কেউ না পায়।
আলেককে চিনিছে যেই,
তিন লোকের ঠাকুর সেই।
‘সহজ’ মানুষের লক্ষণ—তিনি ‘অটুট’ হয়ে থাকেন অর্থাৎ রমণীর সঙ্গে সর্বদা থাকলেও তাঁর কখনও কামভাবে ধৈর্যচ্যুতি হয় না।
এই সম্বন্ধে এঁরা বলেন –
রমণীর সঙ্গে থাকে, না করে রমণ।
সংসারে কামকাঞ্চনের ভিতর অনাসক্তভাবে না থাকলে সাধক আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে না, সেজন্য সাধকদের প্রতি উপদেশ –
রাঁধুনি হইবি, ব্যঞ্জন বাঁটিবি, হাঁড়ি না ছুঁইবি তায়।
সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপ না গিলিবে তায়।
অমিয়-সাগরে সিনান করিবি, কেশ না ভিজিবে তায়।
তন্ত্রের ভিতর সাধকদের যেমন পশু, বীর ও দিব্যভাবে শ্রেণিবদ্ধ করা আছে, এঁদের ভিতরেও তেমনই সাধকদের উচ্চাবচ শ্রেণির কথা আছে –
‘আউল, বাউল, দরবেশ, সাঁই –
সাঁইয়ের পর আর নাই।’
অর্থাৎ সিদ্ধ হলে তবে মানব সাঁই হয়।
ঠাকুর বলতেন, “এঁরা সকলে ঈশ্বরের ‘অরূপ রূপ’-এর ভজন করেন” এবং ওই সম্প্রদায়ের কয়েকটি গানও আমাদের কাছে অনেক সময় গাইতেন। যেমন –
বাউলের সুর।
ডুব্ ডুব্ ডুব্ রূপসাগরে আমার মন।
তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেমরত্নধন॥
(ওরে) খোঁজ্ খোঁজ্ খোঁজ্ খুঁজলে পাবি, হৃদয়মাঝে বৃন্দাবন।
(আবার) দীপ্ দীপ্ দীপ্ জ্ঞানের বাতি হৃদে জ্বলবে অনুক্ষণ॥
ড্যাং ড্যাং ড্যাং ডাঙ্গায় ডিঙ্গি, চালায় আবার সে কোন্ জন?
কুবীর বলে শোন্ শোন্ শোন্ ভাব গুরুর শ্রীচরণ॥
এভাবে গুরুর উপাসনা ও সকলে একত্রিত হয়ে ভজনাদিতে নিবিষ্ট থাকা—এটাই তাঁদের প্রধান সাধন। এঁরা দেবদেবীর মূর্তি প্রভৃতি অস্বীকার না করলেও উপাসনা বড় একটা করেন না। ভারতে গুরু বা আচার্যের উপাসনা অতীব প্রাচীন; উপনিষদের কাল থেকেই প্রবর্তিত বলে বোধ হয়। কারণ উপনিষদেই রয়েছে “আচার্যদেবো ভব”। তখন দেবদেবীর উপাসনা আদৌ প্রচলিত হয়নি বলেই বোধ হয়। সেই আচার্যোপাসনা কালক্রমে ভারতে কত প্রকার মূর্তি ধারণ করেছে দেখে আশ্চর্য হতে হয়।
এ ছাড়া শুচি-অশুচি, ভালো-মন্দ প্রভৃতি ভেদজ্ঞান মন থেকে ত্যাগ করার জন্য নানা প্রকারের অনুষ্ঠানও সাধককে করতে হয়। ঠাকুর বলতেন, সেগুলি সাধকেরা গুরুপরম্পরায় জানতে পারেন। ঠাকুর কখনও কখনও তারও কিছু কিছু উল্লেখ করতেন।
বৈষ্ণবচরণের ঠাকুরকে কাছিবাগানের আখড়ায় নিয়ে যাওয়া ও পরীক্ষা
ঠাকুরকে অনেক সময় বলতে শোনা যেত, ‘বেদ পুরাণ কানে শুনতে হয়; আর তন্ত্রের সাধনসকল কাজে করতে হয়, হাতে হাতে করতে হয়।’ দেখতেও পাওয়া যায়, ভারতের প্রায় সর্বত্রই স্মৃতির অনুগামী সকলে কোনো না কোনোরকম তান্ত্রিক সাধনপ্রণালী অনুসরণ করেন। দেখতে পাওয়া যায়, বড় বড় ন্যায়-বেদান্তের পণ্ডিতেরা অনুষ্ঠানে তান্ত্রিক। বৈষ্ণবসম্প্রদায়গুলির ভিতরেও তেমনই অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বড় বড় ভাগবতাদি ভক্তিশাস্ত্রের পণ্ডিতেরা কর্তাভজাদি সম্প্রদায়ের গুপ্ত সাধনপ্রণালী অনুসরণ করছেন। পণ্ডিত বৈষ্ণবচরণও এই দলভুক্ত ছিলেন। কলিকাতার কয়েক মাইল উত্তরে কাছিবাগানে ওই সম্প্রদায়ের আখড়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্প্রদায়ভুক্ত অনেক স্ত্রীপুরুষ সেখানে বাস করে তাঁর উপদেশমতো সাধনাদিতে রত থাকতেন। ঠাকুরকে বৈষ্ণবচরণ সেখানে কয়েকবার নিয়ে গিয়েছিলেন। শুনেছি, সেখানকার কয়েকজন স্ত্রীলোক ঠাকুরকে সদাসর্বক্ষণ সম্পূর্ণ নির্বিকার থাকতে এবং ভগবৎ-প্রেমে তাঁর অদৃষ্টপূর্ব ভাবাদি হতে দেখে, তিনি সম্পূর্ণভাবে ইন্দ্রিয়জয় করতে পেরেছেন কি না জানার জন্য পরীক্ষা করতে এগিয়ে এসেছিলেন এবং তাঁকে ‘অটুট সহজ’ বলে সম্মান দেখিয়েছিলেন। অবশ্য বালকস্বভাব ঠাকুর বৈষ্ণবচরণের অনুরোধে তাঁর সঙ্গে সেখানে সরল মনেই বেড়াতে গিয়েছিলেন। তারা যে তাঁকে এভাবে পরীক্ষা করবে, তিনি তার কিছুই জানতেন না। যাই হোক, সেই থেকে তিনি আর সেখানে যাননি।
বৈষ্ণবচরণের ঠাকুরকে ঈশ্বরাবতার-জ্ঞান
ঠাকুরের অদ্ভুত চরিত্রবল, পবিত্রতা ও ভাবসমাধি দেখে তাঁর উপর বৈষ্ণবচরণের ভক্তিবিশ্বাস দিন দিন এত বেড়ে গিয়েছিল যে, পরিশেষে তিনি ঠাকুরকে সকলের সমক্ষে ঈশ্বরাবতার বলে স্বীকার করতেও কুণ্ঠিত হতেন না।
তান্ত্রিক গৌরী পণ্ডিতের সিদ্ধাই
বৈষ্ণবচরণ ঠাকুরের কাছে কিছুদিন যাতায়াত করতে না করতেই ইঁদেশের গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। গৌরী পণ্ডিত একজন বিশিষ্ট তান্ত্রিক সাধক ছিলেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে তিনি পৌঁছতেই তাঁকে নিয়ে একটি মজার ঘটনা ঘটে। ঠাকুরের কাছেই আমরা তা শুনেছি। ঠাকুর বলতেন, গৌরীর একটি সিদ্ধাই বা তপস্যালব্ধ ক্ষমতা ছিল। শাস্ত্রীয় তর্কবিচারে ডাক পেয়ে যেখানে তিনি যেতেন, সেই বাড়িতে এবং যেখানে বিচার হবে সেই সভাস্থলে ঢোকার মুখে তিনি উচ্চস্বরে কয়েকবার ‘হা রে রে রে, নিরালম্বো লম্বোদরজননী কং যামি শরণম্’—এই কথাগুলি উচ্চারণ করে তবে সেখানে প্রবেশ করতেন। ঠাকুর বলতেন, জলদগম্ভীরস্বরে বীরভাবদ্যোতক ‘হা রে রে রে’ শব্দ এবং আচার্যকৃত দেবীস্তোত্রের ওই এক পাদ তাঁর মুখ থেকে শুনলে সকলের হৃদয় কী একটা অব্যক্ত ত্রাসে চমকে উঠত! এতে দুটি কাজ সিদ্ধ হত। প্রথম, সেই শব্দে গৌরীর ভিতরের শক্তি পুরোপুরি জেগে উঠত; এবং দ্বিতীয়, তিনি তা দিয়ে শত্রুপক্ষকে চমকিত ও মুগ্ধ করে তাদের বলহরণ করতেন। এমন শব্দ করে এবং কুস্তিগির পালোয়ানেরা যেমন বাহুতে তাল ঠোকে তেমনই তাল ঠুকতে ঠুকতে গৌরী সভার মধ্যে প্রবেশ করতেন এবং বাদশাহি দরবারে সভ্যেরা যেভাবে বসত, সেইভাবে সভাস্থলে দুই পা মুড়ে তার উপর বসে তিনি তর্কসংগ্রামে নামতেন। ঠাকুর বলতেন, তখন গৌরীকে পরাজিত করা কারও সাধ্য ছিল না।
গৌরীর সেই সিদ্ধাইয়ের কথা ঠাকুর জানতেন না। কিন্তু দক্ষিণেশ্বর কালীবাড়িতে পদার্পণ করে গৌরী যেই উচ্চস্বরে ‘হা রে রে রে’ শব্দ করলেন, অমনি ঠাকুরের ভিতরে কে যেন ঠেলে উঠে তাঁকে গৌরীর চেয়ে জোরে সেই শব্দ করাতে লাগল। ঠাকুরের মুখে সেই শব্দ শুনে গৌরী আরও জোরে সেই শব্দ করতে লাগলেন। ঠাকুর তা শুনে উত্তেজিত হয়ে তার চেয়েও জোরে ‘হা রে রে রে’ করে উঠলেন। ঠাকুর হাসতে হাসতে বলতেন, বারবার সেই দুই পক্ষের ‘হা রে রে রে’ রবে যেন ডাকাত-পড়ার মতো এক ভীষণ আওয়াজ উঠল। কালীবাড়ির দারোয়ানেরা যে যেখানে ছিল শশব্যস্তে লাঠিসোঁটা নিয়ে সেদিকে ছুটল। অন্য সকলে ভয়ে অস্থির। যাই হোক, এক্ষেত্রে ঠাকুরের চেয়ে জোরে সেসব কথা আর উচ্চারণ করতে না পেরে গৌরী শান্ত হলেন এবং একটু যেন বিষণ্ণভাবে ধীরে ধীরে কালীবাড়িতে প্রবেশ করলেন। অপর সকলেও যখন জানতে পারল, ঠাকুর এবং নবাগত পণ্ডিতজীই অমন করছিলেন, তখন হাসতে হাসতে যে যার জায়গায় চলে গেল। ঠাকুর বলতেন, “তারপর মা জানিয়ে দিলেন, গৌরী যে শক্তি বা সিদ্ধাইয়ে লোকের বলহরণ করে নিজে অজেয় থাকত, সেই শক্তির এখানে ঐরূপে পরাজয় হওয়াতে তার ঐ সিদ্ধাই থাকল না! মা তার কল্যাণের জন্য তার শক্তিটা (নিজেকে দেখিয়ে) এর ভিতর টেনে নিলেন।” বাস্তবিক দেখা গিয়েছিল, গৌরী দিন দিন ঠাকুরের ভাবে মোহিত হয়ে তাঁর সম্পূর্ণ বশ্যতা স্বীকার করেছিলেন।
গৌরীর নিজের পত্নীকে দেবীবুদ্ধিতে পূজা
আগেই বলেছি, গৌরী পণ্ডিত তান্ত্রিক সাধক ছিলেন। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, গৌরী প্রতি বছর ৺দুর্গাপূজার সময় জগদম্বার পূজার সমস্ত আয়োজন যথাযথভাবে করতেন এবং নিজের গৃহিণীকেই বসনালংকারে ভূষিত করে আলপনা দেওয়া পীঠে বসিয়ে শ্রীশ্রীজগদম্বা জ্ঞানে তিন দিন ভক্তিভাবে পূজা করতেন। তন্ত্রের শিক্ষা—যত স্ত্রী-মূর্তি, সবই সাক্ষাৎ জগদম্বার মূর্তি—সকলের মধ্যেই জগন্মাতার জগৎপালিনী ও আনন্দদায়িনী শক্তির বিশেষ প্রকাশ। সেইজন্য স্ত্রী-মূর্তিমাত্রকেই মানবের পবিত্রভাবে পূজা করা উচিত। স্ত্রী-মূর্তির অন্তরালে শ্রীশ্রীজগন্মাতা স্বয়ং রয়েছেন, এ কথা স্মরণ না রেখে ভোগ্যবস্তুমাত্র বলে সকামভাবে স্ত্রী-শরীর দেখলে তাতে শ্রীশ্রীজগন্মাতারই অবমাননা করা হয় এবং তা থেকে মানবের অশেষ অকল্যাণ ঘটে। চণ্ডীতে দেবতারা দেবীর স্তব করতে করতে সেই কথা বলছেন –
বিদ্যাঃ সমস্তাস্তব দেবি ভেদাঃ,
স্ত্রিয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু।
ত্বয়ৈকয়া পূরিতমম্বয়ৈতৎ
কা তে স্তুতিঃ স্তব্যপরাপরোক্তিঃ॥
– হে দেবি! তুমিই জ্ঞানরূপিণী; জগতে উচ্চাবচ যত প্রকার বিদ্যা আছে—যা থেকে লোকের অশেষ প্রকার জ্ঞানের উদয় হচ্ছে—সেসব তুমিই, সেই সেই রূপে প্রকাশিত। তুমিই স্বয়ং জগতের যাবতীয় স্ত্রী-মূর্তিরূপে বিদ্যমান। তুমিই একাকিনী সমগ্র জগৎ পূর্ণ করে তার সর্বত্র বর্তমান। তুমি অতুলনীয়া, বাক্যাতীতা—স্তব করে তোমার অনন্ত গুণের উল্লেখ করতে কে কবে পেরেছে বা পারবে!
ভারতের সর্বত্র আমরা অনেকে নিত্যই এই স্তব পাঠ করি। কিন্তু হায়! কজন কতক্ষণ দেবীবুদ্ধিতে স্ত্রী-শরীর দেখে তেমন যথাযথ সম্মান দিয়ে হৃদয়ে বিশুদ্ধ আনন্দ অনুভব করে কৃতার্থ হতে চেষ্টা করি? শ্রীশ্রীজগন্মাতার বিশেষ-প্রকাশের আধারস্বরূপিণী স্ত্রী-মূর্তিকে হীন বুদ্ধিতে কলুষিত নয়নে দেখে কে না দিনে শতবার সহস্রবার তাঁর অবমাননা করে? হায় ভারত, এমন পশুবুদ্ধিতে স্ত্রী-শরীরের অবমাননা করেই এবং শিবজ্ঞানে জীবসেবা করতে ভুলেই তোমার বর্তমান দুর্দশা। কবে জগদম্বা আবার কৃপা করে তোমার এ পশুবুদ্ধি দূর করবেন, তা তিনিই জানেন!
গৌরীর অদ্ভুত হোমপ্রণালী
গৌরী পণ্ডিতের আর একটি অদ্ভুত শক্তির কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনেছিলাম। বিশিষ্ট তান্ত্রিক সাধকেরা জগন্মাতার নিত্যপূজার পর হোম করেন। গৌরীও সব দিন না হোক, অনেক সময় হোম করতেন। কিন্তু তাঁর হোমের প্রণালী অতি অদ্ভুত ছিল। অপর সাধারণ লোকেরা যেমন জমির উপর মাটি বা বালি দিয়ে বেদি রচনা করে তার উপর কাঠ সাজিয়ে অগ্নি প্রজ্বলিত করেন এবং আহুতি দেন, তিনি সেরকম করতেন না। তিনি নিজের বাঁ হাত শূন্যে প্রসারিত করে সেই হাতের উপরেই একসঙ্গে এক মন কাঠ সাজাতেন এবং অগ্নি প্রজ্বলিত করে সেই অগ্নিতে ডান হাত দিয়ে আহুতি দিতেন! হোম করতে তো অল্প সময় লাগে না; ততক্ষণ হাত শূন্যে প্রসারিত রেখে সেই এক মন কাঠের গুরুভার ধরে থাকা এবং তার উপর হাতে অগ্নির উত্তাপ সহ্য করে মন স্থির রাখা ও যথাযথভাবে ভক্তিপূর্ণ হৃদয়ে আহুতি দেওয়া—আমাদের কাছে একেবারে অসম্ভব বলেই বোধ হয়। সেজন্য আমাদের অনেকে ঠাকুরের মুখে শুনেও সে কথা সহজে বিশ্বাস করতে পারতেন না। ঠাকুর তখন তাঁদের মনোভাব বুঝে বলতেন, “আমি নিজের চক্ষে তাকে ঐরূপ করতে দেখেছি রে! ওটাই তার একটা সিদ্ধাই ছিল।”
বৈষ্ণবচরণ ও গৌরীকে নিয়ে দক্ষিণেশ্বরে সভা; ভাবাবেশে ঠাকুরের বৈষ্ণবচরণের স্কন্ধারোহণ ও তাঁর স্তব
গৌরীর দক্ষিণেশ্বরে আসার কয়েকদিন পরেই মথুরবাবু বৈষ্ণবচরণ-প্রমুখ কয়েকজন সাধক পণ্ডিতকে ডেকে একটি সভা বসালেন। উদ্দেশ্য, আগের মতো ঠাকুরের আধ্যাত্মিক অবস্থার বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ প্রয়োগ করে নবাগত পণ্ডিতজীর সঙ্গে আলোচনা করা এবং তা নির্ধারণ করা। সকালেই সভা ডাকা হয়। স্থান—শ্রীশ্রীকালীমাতার মন্দিরের সামনে নাটমন্দির। বৈষ্ণবচরণের কলিকাতা থেকে আসতে দেরি হচ্ছে দেখে ঠাকুর গৌরীকে সঙ্গে করে আগেই সভাস্থলে চললেন, এবং সভায় ঢোকার আগে শ্রীশ্রীজগন্মাতা কালিকার মন্দিরে প্রবেশ করে ভক্তিভরে তাঁর শ্রীমূর্তিদর্শন ও শ্রীচরণবন্দনাদি করে ভাবে টলমল করতে করতে যেই মন্দিরের বাইরে এলেন, অমনি দেখলেন সামনে বৈষ্ণবচরণ তাঁর পদপ্রান্তে প্রণত হচ্ছেন। দেখেই ঠাকুর ভাবে প্রেমে সমাধিস্থ হয়ে বৈষ্ণবচরণের স্কন্ধদেশে বসে পড়লেন এবং বৈষ্ণবচরণ এতে নিজেকে কৃতার্থ জ্ঞান করে আনন্দে উল্লসিত হয়ে সেই মুহূর্তেই রচনা করে সংস্কৃত ভাষায় ঠাকুরের স্তব করতে লাগলেন। ঠাকুরের সেই সমাধিস্থ প্রসন্নোজ্জ্বল মূর্তি এবং বৈষ্ণবচরণের তেমন আনন্দোচ্ছ্বসিত হৃদয়ে সুললিত স্তবপাঠ দেখে শুনে মথুর-প্রমুখ উপস্থিত সকলে স্থিরনেত্রে ভক্তিপূর্ণ হৃদয়ে চারপাশে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে রইলেন। কিছুক্ষণ পরে ঠাকুরের সমাধিভঙ্গ হল, তখন ধীরে ধীরে সকলে তাঁর সঙ্গে সভাস্থলে গিয়ে বসলেন।
এইবার সভার কাজ আরম্ভ হল। কিন্তু গৌরী প্রথমেই বলে উঠলেন—(ঠাকুরকে দেখিয়ে) “উনি যখন পণ্ডিতজীকে এমন কৃপা করলেন, তখন আজ আর আমি ওঁর (বৈষ্ণবচরণের) সঙ্গে তর্কে নামব না; নামলেও আমাকে নিশ্চয় পরাজিত হতে হবে, কারণ উনি (বৈষ্ণবচরণ) আজ দৈববলে বলীয়ান! বিশেষত উনি (বৈষ্ণবচরণ) তো দেখছি আমারই মতের লোক—ঠাকুর সম্বন্ধে ওঁরও যা ধারণা, আমারও তাই; অতএব এক্ষেত্রে তর্ক নিষ্প্রয়োজন।” অন্যান্য শাস্ত্রীয় কথাবার্তায় কিছুক্ষণ কাটার পর সভা ভঙ্গ হল।
ঠাকুরের সম্বন্ধে গৌরীর ধারণা
গৌরী যে বৈষ্ণবচরণের পাণ্ডিত্যে ভয় পেয়ে তাঁর সঙ্গে আজ তর্কযুদ্ধ থেকে নিরস্ত হলেন, তা নয়। ঠাকুরের চাল-চলন, আচার-ব্যবহার ও অন্যান্য লক্ষণাদি দেখে এই অল্পদিনেই তিনি তপস্যা-প্রসূত তীক্ষ্ণদৃষ্টির সাহায্যে প্রাণে প্রাণে অনুভব করেছিলেন—ইনি সামান্য নন, ইনি মহাপুরুষ! কারণ, এর কিছুদিন পরেই ঠাকুর একদিন গৌরীর মন পরীক্ষা করার জন্য তাঁকে জিজ্ঞাসা করেন—“আচ্ছা, বৈষ্ণবচরণ (নিজের শরীর দেখিয়ে) একে অবতার বলে; এটা কি হতে পারে? তোমার কী বোধ হয়, বল দেখি?”
গৌরী তা শুনে গম্ভীরভাবে উত্তর দিলেন—“বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? তবে তো ছোট কথা বলে। আমার ধারণা, যাঁর অংশ থেকে যুগে যুগে অবতারেরা লোক-কল্যাণসাধনে জগতে অবতীর্ণ হয়ে থাকেন, যাঁর শক্তিতে তাঁরা সেই কার্য সাধন করেন, আপনি তিনিই!” ঠাকুর শুনে হাসতে হাসতে বললেন—“ও বাবা! তুমি যে আবার তাকেও (বৈষ্ণবচরণকেও) ছাড়িয়ে যাও! কেন বল দেখি? আমাতে কী দেখেছ, বল দেখি?” গৌরী বললেন, “শাস্ত্রপ্রমাণে এবং নিজের প্রাণের অনুভব থেকেই বলছি। এ বিষয়ে যদি কেউ বিরুদ্ধ পক্ষ নিয়ে আমার সঙ্গে তর্কে নামে, তাহলে আমি আমার ধারণা প্রমাণ করতেও প্রস্তুত আছি।”
ঠাকুর বালকের মতো বললেন, “তোমরা সব এত কথা বল, কিন্তু কে জানে বাবু, আমি তো কিছু জানি না!”
গৌরী বললেন, “ঠিক কথা। শাস্ত্রও ঐ কথা বলেন—আপনিও আপনাকে জানেন না। অতএব অন্যে আর কী করে আপনাকে জানবে বলুন? যদি কাউকে কৃপা করে জানান তবেই সে জানতে পারে।”
ঠাকুরের সংসর্গে গৌরীর বৈরাগ্য ও সংসার ত্যাগ করে তপস্যায় গমন
পণ্ডিতজীর বিশ্বাসের কথা শুনে ঠাকুর হাসতে লাগলেন। দিন দিন গৌরী ঠাকুরের প্রতি আরও আকৃষ্ট হতে লাগলেন। তাঁর শাস্ত্রজ্ঞান ও সাধনের ফল এতদিনে ঠাকুরের দিব্যসঙ্গে পূর্ণভাবে পরিণত হয়ে সংসারে তীব্র বৈরাগ্যরূপে প্রকাশ পেতে লাগল। দিন দিন তাঁর মন পাণ্ডিত্য, লোকমান্য, সিদ্ধাই প্রভৃতি সব বস্তুর প্রতি বীতরাগ হয়ে ঈশ্বরের শ্রীপাদপদ্মে গুটিয়ে আসতে লাগল। এখন আর গৌরীর সে পাণ্ডিত্যের অহংকার নেই, সে দাম্ভিকতা কোথায় ভেসে গেছে, সে তর্কপ্রিয়তা একেবারে নীরব হয়েছে। তিনি এখন বুঝেছেন, ঈশ্বরপাদপদ্ম-লাভের একান্ত চেষ্টা না করে এতদিন বৃথা কাল কাটিয়েছেন—আর ওভাবে কালক্ষেপ উচিত নয়। তাঁর মনে এখন সংকল্প স্থির—সর্বস্ব ত্যাগ করে ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ চিত্তে সম্পূর্ণ নির্ভর করে ব্যাকুল অন্তরে তাঁকে ডেকে দিন কটা কাটিয়ে দেবেন; এভাবে যদি তাঁর কৃপা ও দর্শন লাভ করতে পারেন!
এভাবে ঠাকুরের সঙ্গসুখে ও ঈশ্বরচিন্তায় দিনের পর দিন, মাসের পর মাস কেটে যেতে লাগল। অনেক দিন বাড়ি থেকে দূরে আছেন বলে পণ্ডিতজীর স্ত্রী-পুত্র ও পরিবারের লোকজন ফেরার জন্য বারবার চিঠি লিখতে লাগল। কারণ, তারা লোকমুখে আভাস পাচ্ছিল, দক্ষিণেশ্বরের কোনো এক উন্মত্ত সাধুর সঙ্গে মিশে পণ্ডিতজীর মনের অবস্থা কেমন একরকম হয়ে গেছে।
পাছে তারা দক্ষিণেশ্বরে এসে তাঁকে টানাটানি করে সংসারে আবার লিপ্ত করে, তাদের চিঠির আভাসে পণ্ডিতজীর মনে এই ভাবনাও ক্রমশ প্রবল হতে লাগল। অনেক ভেবেচিন্তে গৌরী উপায় বের করলেন এবং শুভ মুহূর্ত এসেছে জেনে ঠাকুরের শ্রীপদে প্রণাম করে সজলনয়নে বিদায় প্রার্থনা করলেন। ঠাকুর বললেন, “সে কী গৌরী, সহসা বিদায় কেন? কোথায় যাবে?”
গৌরী করজোড়ে উত্তর দিলেন, “আশীর্বাদ করুন যেন অভীষ্ট সিদ্ধ হয়। ঈশ্বরবস্তু লাভ না করে আর সংসারে ফিরব না।” সেই থেকে সংসারে আর কখনও কেউ বহু অনুসন্ধানেও গৌরী পণ্ডিতের দেখা পায়নি।
বৈষ্ণবচরণ ও গৌরীর কথা উল্লেখ করে ঠাকুরের উপদেশ—নরলীলায় বিশ্বাস
এভাবে ঠাকুর বৈষ্ণবচরণ এবং গৌরীর জীবনের নানা কথা আমাদের কাছে অনেক সময় উল্লেখ করতেন। আবার কখনও বা কোনো বিষয়ের কথাপ্রসঙ্গে তাঁদের সে বিষয়ে কী মতামত প্রকাশ করতে শুনেছিলেন, তারও উল্লেখ করতেন। আমাদের মনে আছে, একদিন একজন ভক্ত সাধককে উপদেশ দিতে দিতে ঠাকুর তাঁকে বলছেন, “মানুষে ইষ্টবুদ্ধি ঠিক ঠিক হলে তবে ভগবানলাভ হয়। বৈষ্ণবচরণ বলত—নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হয়।”
কালী ও কৃষ্ণে অভেদ-বুদ্ধি-সম্বন্ধে গৌরী
কখনও বা কোনো ভক্তের ‘কালী’ ও ‘কৃষ্ণ’-এ বিশেষ ভেদবুদ্ধি দেখে তাকে বলতেন, “ও কী হীন বুদ্ধি তোর? জানবি যে তোর ইষ্টই কালী, কৃষ্ণ, গৌর, সব হয়েছেন। তা বলে কি নিজের ইষ্ট ছেড়ে তোকে গৌর ভজতে বলছি, তা নয়। তবে দ্বেষবুদ্ধিটা ত্যাগ করবি। তোর ইষ্টই কৃষ্ণ হয়েছেন, গৌর হয়েছেন—এই জ্ঞানটা ভিতরে ঠিক রাখবি। দেখ্ না, গেরস্তের বৌ শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুর, শাশুড়ী, ননদ, দেওর, ভাসুর সকলকে যথাযোগ্য মান্য ভক্তি ও সেবা করে—কিন্তু মনের সকল কথা খুলে বলা, আর শোয়া কেবল এক স্বামীর সঙ্গেই করে। সে জানে যে, স্বামীর জন্যই শ্বশুর শাশুড়ী প্রভৃতি তার আপনার। সেই রকম নিজের ইষ্টকে ঐ স্বামীর মতন জানবি। আর তাঁর সঙ্গে সম্বন্ধ হতেই তাঁর অন্য সকল রূপের সঙ্গে সম্বন্ধ, তাঁদের সব শ্রদ্ধা ভক্তি করা—এইটে জানবি। ঐরূপ জেনে দ্বেষবুদ্ধিটা তাড়িয়ে দিবি। গৌরী বলত—‘কালী আর গৌরাঙ্গ এক বোধ হলে তবে বুঝব যে ঠিক জ্ঞান হলো’।”
ভালোবাসার পাত্রকে ভগবানের মূর্তি বলে ভাবা সম্বন্ধে বৈষ্ণবচরণ
আবার কখনও বা ঠাকুর কোনো ভক্তের মন সংসারে কারও প্রতি অত্যন্ত আসক্ত থাকায় স্থির হচ্ছে না দেখে তাকে তার ভালোবাসার পাত্রকেই ভগবানের মূর্তিজ্ঞানে সেবা করতে ও ভালোবাসতে বলতেন। লীলাপ্রসঙ্গে আগে এক জায়গায় আমরা পাঠককে বলেছি, কেমন করে ঠাকুর একজন স্ত্রী-ভক্তের মন তাঁর অল্পবয়স্ক ভাইপোর উপর অত্যন্ত আসক্ত দেখে তাঁকে সেই বালককেই গোপাল বা বালকৃষ্ণ-জ্ঞানে সেবা করতে ও ভালোবাসতে বলেছিলেন, এবং এভাবে সাধন করার ফলে সেই স্ত্রী-ভক্তের যে অল্পদিনেই ভাবসমাধির উদয় হয়েছিল, সে কথাও উল্লেখ করেছি।[2] ভালোবাসার পাত্রকে ঈশ্বরজ্ঞানে শ্রদ্ধা ও ভক্তি করার কথা বলতে বলতে কখনও কখনও ঠাকুর এ বিষয়ে বৈষ্ণবচরণের মতের উল্লেখ করে বলতেন, “বৈষ্ণবচরণ বলত, যে যাকে ভালবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানে শীঘ্র মন যায়।” বলেই আবার বুঝিয়ে দিতেন, “সে ঐ কথা তাদের সম্প্রদায়ের মেয়েদের করতে বলত, তজ্জন্য দূষ্য হতো না—তাদের সব পরকীয়া নায়িকার ভাব কি না! পরকীয়া নায়িকার উপপতির উপর মনের যেমন টান, সেই টানটা ঈশ্বরে আরোপ করতেই তারা চাইত।” ওটা যে সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার কথা নয়, তাও কিন্তু ঠাকুর বলতেন। বলতেন, তাতে ব্যভিচার বাড়বে। তবে নিজের পতি পুত্র বা অন্য কোনো আত্মীয়কে ঈশ্বরের মূর্তি-জ্ঞানে সেবা করতে, ভালোবাসতে ঠাকুরের অমত ছিল না এবং তাঁর পদাশ্রিত অনেক ভক্তকে যে তিনি সেরকম করতে শিক্ষাও দিতেন, তা আমাদের জানা আছে।
এই উপদেশ শাস্ত্রসম্মত—উপনিষদের যাজ্ঞবল্ক্য-মৈত্রেয়ী-সংবাদ
বাস্তবিক, ভেবে দেখলে এটি যে অশাস্ত্রীয় নবীন মত নয়, তাও বেশ বোঝা যায়। উপনিষদকার ঋষি যাজ্ঞবল্ক্য-মৈত্রেয়ী-সংবাদে[3] শিক্ষা দিচ্ছেন—পতির ভিতর আত্মস্বরূপ শ্রীভগবান রয়েছেন বলেই স্ত্রীর কাছে পতিকে প্রিয় বোধ হয়। স্ত্রীর ভিতর তিনি আছেন বলেই পতির মন স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়। এভাবে ব্রাহ্মণের ভিতর, ক্ষত্রিয়ের ভিতর, ধনের ভিতর—পৃথিবীর যে সমস্ত বস্তু অন্তরে প্রিয়বুদ্ধি জাগিয়ে মানবমন আকর্ষণ করে, সে সমস্তের ভিতরেই প্রিয়স্বরূপ, আনন্দস্বরূপ ঐশ্বরিক অংশ বিদ্যমান দেখে ভালোবাসবার উপদেশ ভারতের উপনিষদকার ঋষিরা বহু প্রাচীন যুগ থেকেই আমাদের দিয়ে আসছেন। দেবর্ষি নারদাদি ভক্তিসূত্রের আচার্যরাও জীবকে কামক্রোধাদি রিপুগুলির বেগ ঈশ্বরের দিকে ফিরিয়ে দিতে বলে এবং সখ্য-বাৎসল্য-মধুররসাদি আশ্রয় করে ঈশ্বরকে ডাকার উপদেশ দিয়ে উপনিষদকার ঋষিদেরই যে পদানুসরণ করেছেন, তা স্পষ্ট বোঝা যায়। অতএব এ বিষয়ে ঠাকুরের মত যে শাস্ত্রানুগত, তা বেশ বোঝা যাচ্ছে।
অবতারপুরুষেরা সর্বদা শাস্ত্রমর্যাদা রক্ষা করেন; সকল ধর্মমতকে সম্মান করা সম্বন্ধে ঠাকুরের শিক্ষা
ঈশ্বরাবতার মহাপুরুষেরা পূর্ব পূর্ব শাস্ত্রগুলির মর্যাদা সম্যক রক্ষা করে তাঁদের প্রবর্তিত বিধানের অবিরোধী কোনো নতুন পথের সংবাদই যে ধর্মজগতে এনে দেন, এ কথা আর বলে বোঝাতে হবে না। যে-কোনো অবতার-পুরুষের জীবনালোচনা করলেই তা বোঝা যায়। বর্তমান যুগাবতার শ্রীরামকৃষ্ণের জীবনেও যে এর অক্ষুণ্ণ পরিচয় আমরা সর্বদা সব বিষয়ে পেয়েছি, এ কথাই আমরা পাঠককে ‘লীলাপ্রসঙ্গ’-এ বোঝাতে প্রয়াস পাচ্ছি। যদি না পারি, তবে পাঠক যেন বোঝেন, তা আমাদের একদেশী বুদ্ধির দোষেই হচ্ছে—যে ঠাকুর ‘যত মত তত পথ’-রূপ অদৃষ্টপূর্ব সত্য আধ্যাত্মিক জগতে প্রথম প্রকাশ করে জনসাধারণকে মুগ্ধ করেছেন, তাঁর ত্রুটি বা দোষে নয়। পাশ্চাত্য নীতি—যার প্রয়োগ সুচতুর দুনিয়াদার পাশ্চাত্য কেবল অপর ব্যক্তি ও জাতির কার্যাকার্য-বিচারের সময়েই বিশেষভাবে করেন, নিজের কার্যকলাপ বিচার করতে গিয়ে প্রায়ই পালটে দেন, সেই পাশ্চাত্য নীতি অনুসরণ করে আমরা যাকে ‘জঘন্য কর্তাভজাদি মত’ বলে নাক কুঁচকাই, সেই কর্তাভজাদি মত থেকে শুদ্ধাদ্বৈত বেদান্তমত পর্যন্ত সকল মতই এই দেবমানব ঠাকুরের কাছে সসম্মানে ঈশ্বরলাভের পথ বলে স্থান পেত এবং অধিকারী-বিশেষে অনুষ্ঠেয় বলে নির্দিষ্টও হত। আমরা অনেকে দ্বেষবুদ্ধির বশে ঠাকুরকে অনেক সময় জিজ্ঞাসা করেছি—‘মহাশয়, অত বড় উচ্চদরের সাধিকা ব্রাহ্মণী পঞ্চ-মকার নিয়ে সাধন করতেন, এটা কেমন কথা? অথবা অত বড় উচ্চদরের ভক্ত সুপণ্ডিত বৈষ্ণবচরণ পরকীয়া গ্রহণ করতে ছাড়েননি—এ তো বড় খারাপ?’
ঠাকুরও তা শুনে বারংবার আমাদের বলেছেন, “ওতে ওদের দোষ নেই রে! ওরা ষোল আনা মন দিয়ে বিশ্বাস করত, ঐটেই ঈশ্বরলাভের পথ। ঈশ্বরলাভ হবে বলে যে যেটা সরলভাবে প্রাণের সঙ্গে বিশ্বাস করে অনুষ্ঠান করে, সেটাকে খারাপ বলতে নেই, নিন্দা করতে নেই। কারও ভাব নষ্ট করতে নেই। কেন-না যে-কোন একটা ভাব ঠিক ঠিক ধরলে তা থেকেই ভাবময় ভগবানকে পাওয়া যায়। যে যার ভাব ধরে তাঁকে (ঈশ্বরকে) ডেকে যা। আর, কারো ভাবের নিন্দা করিসনি, বা অপরের ভাবটা নিজের বলে ধরতে যাসনি।” এই বলেই সদানন্দময় ঠাকুর অনেক সময় গাইতেন –
আপনাতে আপনি থেকো, যেও না মন কারু ঘরে।
যা চাবি তাই বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে॥
পরম ধন সে পরশমণি, যা চাবি তাই দিতে পারে,
(ও মন) কত মণি পড়ে আছে, সে চিন্তামণির নাচদুয়ারে॥
তীর্থগমন দুঃখভ্রমণ, মন উচাটন হয়ো না রে,
(তুমি) আনন্দে ত্রিবেণী-স্নানে শীতল হও না মূলাধারে॥
কি দেখ কমলাকান্ত, মিছে বাজি এ সংসারে,
(তুমি) বাজিকরে চিনলে নাকো, যে এই ঘটের ভিতর বিরাজ করে॥
[1] পূর্বার্ধ, প্রথম অধ্যায় দেখো।
[2] পূর্বার্ধ, প্রথম অধ্যায়।
[3] বৃহদারণ্যক উপনিষদ – ৫ম ব্রাহ্মণ।
অহং সর্বস্য প্রভবো মত্তঃ সর্বং প্রবর্ততে।
ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাবসমন্বিতাঃ॥
– গীতা, ১০।৮
তেষামেবানুকম্পার্থমহমজ্ঞানজং তমঃ।
নাশয়াম্যাত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা॥
– গীতা, ১০।১১
সাধুদের সঙ্গে ঠাকুরের মিলন কীভাবে হয়
ঠাকুর এক সময়ে আমাদের বলেছিলেন, “কেশব সেনের আসবার পর থেকে তোদের মতো ‘ইয়ং বেঙ্গল’-এর (Young Bengal) দলই সব এখানে (আমার নিকটে) আসতে শুরু করেছে। আগে আগে এখানে কত যে সাধু-সন্ত, ত্যাগী-সন্ন্যাসী, বৈরাগী বাবাজী সব আসত যেত, তা তোরা কি জানবি? রেল হবার পর থেকে তারা সব আর এদিকে আসে না। নইলে রেল হবার আগে যত সাধুরা সব গঙ্গার ধার দিয়ে হাঁটা পথ ধরে সাগরে চান (স্নান) করতে ও ৺জগন্নাথ দেখতে আসত। রাসমণির বাগানে ডেরা-ডাণ্ডা ফেলে অন্ততঃ দু-চার দিন থাকা, বিশ্রাম করা, তারা সকলে করতই করত। কেউ কেউ আবার কিছুকাল থেকেই যেত। কেন জানিস? সাধুরা ‘দিশা-জঙ্গল’ ও ‘অন্ন-পানি’র সুবিধা না দেখে কোথাও আড্ডা করে না। ‘দিশা-জঙ্গল’ কি না—শৌচাদির জন্য সুবিধাজনক নিরেলা জায়গা। আর, ‘অন্ন-পানি’ কি না—ভিক্ষা। ভিক্ষান্নেই তো সাধুদের শরীর ধারণ—সেজন্য যেখানে সহজে ভিক্ষা পাওয়া যায়, তারই কাছে সাধুরা ‘আসন’ অর্থাৎ থাকবার স্থান ঠিক করে।”
সাধুদের জল ও ‘দিশা-জঙ্গলের’ সুবিধা দেখে বিশ্রাম করা
“আবার চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লে ভিক্ষার কষ্ট সহ্য করেও বরং সাধুরা কোন স্থানে দু-এক দিনের জন্য আড্ডা করে থাকে, কিন্তু যেখানে জলের কষ্ট এবং ‘দিশা-জঙ্গল’-এর কষ্ট বা শৌচাদি যাবার ‘ফারাকৎ’ (নির্জন) স্থান নেই, সেখানে কখনো থাকে না। ভাল ভাল সাধুরা ওসব (শৌচাদি) কাজ যেখানে সকলে করে, যেখানে লোকের নজরে পড়তে হবে সেখানে করে না। অনেক দূরে নিরেলা জায়গায় (নিরালায়) গোপনে সেরে আসে। সাধুদের কাছে একটা গল্প শুনেছিলাম—”
এ সম্বন্ধে গল্প
“একজন লোক ভাল ত্যাগী সাধু দেখবে বলে সন্ধান করে ফিরছিল। তাকে একজন বলে দিলে যে, যে সাধুকে লোকালয় ছাড়িয়ে অনেক দূরে গিয়ে শৌচাদি সারতে দেখবে, তাকেই জানবে ঠিক ঠিক ত্যাগী। সে ঐ কথাটি মনে রেখে লোকালয়ের বাহিরে সন্ধান করতে করতে একদিন একজন সাধুকে অপর সকলের চেয়ে অনেক অধিক দূরে গিয়ে ঐ সব কাজ সারতে দেখতে পেলে ও তার পেছনে পেছনে গিয়ে সে কেমন লোক তাই জানতে চেষ্টা করতে লাগল। এখন, সে দেশের রাজার মেয়ে শুনেছিল যে ঠিক ঠিক যোগী পুরুষকে বিয়ে করতে পারলে সুপুত্তুর লাভ হয়; কারণ শাস্ত্রে আছে—যোগী পুরুষদের ঔরসেই সাধু পুরুষেরা জন্মগ্রহণ করেন। রাজার মেয়ে তাই সাধুরা যেখানে আড্ডা করেছিল, সেখানে মনের মতো পতি খুঁজতে এসে ঐ সাধুটিকেই পছন্দ করে বাড়ি ফিরে গিয়ে তার বাপকে বললে যে, সে ঐ সাধুকে বিবাহ করবে। রাজা মেয়েটিকে বড় ভালবাসত। মেয়ে জেদ করে ধরেছে, কাজেই রাজা সেই সাধুর কাছে এসে ‘অর্ধেক রাজত্ব দেব’ ইত্যাদি বলে অনেক করে বুঝালে যাতে সাধু রাজকন্যাকে বিবাহ করে। কিন্তু সাধু রাজার সে সব কথায় কিছুতেই ভুলল না। কাকেও কিছু না বলে রাতারাতি সে স্থান ছেড়ে পালিয়ে গেল। আগে যার কথা বলেছি, সেই লোকটি সাধুর ঐরূপ অদ্ভুত ত্যাগ দেখে বুঝলে যে বাস্তবিকই সে একজন ব্রহ্মজ্ঞ পুরুষের দর্শন পেয়েছে ও তাঁর শরণাপন্ন হয়ে তাঁর মুখে উপদেশ পেয়ে তাঁর কৃপায় ঈশ্বর-ভক্তি লাভ করে কৃতার্থ হলো।”
দক্ষিণেশ্বর কালীবাড়িতে ‘দিশা-জঙ্গল’ ও ভিক্ষার বিশেষ সুবিধা বলে সাধুদের সেখানে আসা
“রাসমণির বাগানে ভিক্ষার সুবিধা, মা গঙ্গার কৃপায় জলেরও অভাব নেই। আবার নিকটেই মনের মতো ‘দিশা-জঙ্গল’ যাবার স্থান—কাজেই সাধুরা তখন এখানেই ডেরা করত। আবার, কথা মুখে হাঁটে—এ সাধু ওকে বললে, সে আর একজন এদিকে আসছে জেনে তাকে বললে—এইরূপে রাসমণির বাগানে যে সাগর ও জগন্নাথ দেখতে যাবার পথে একটি ডেরা করবার বেশ জায়গা, এ কথাটা সকল সাধুদের ভেতরেই তখন চাউর হয়ে গিয়েছিল।”
ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সাধুসম্প্রদায়ের আগমন
ঠাকুর আরও বলতেন, “এক এক সময়ে এক এক রকমের সাধুর ভিড় লেগে যেত। এক সময়ে সন্ন্যাসী পরমহংসই যত আসতে লাগল! পেট-বৈরাগীর দল নয়—সব ভাল ভাল লোক। (নিজের ঘর দেখিয়ে) ঘরে দিনরাত্তির তাদের ভিড় লেগেই থাকত। আর দিবারাত্তির ব্রহ্ম ও মায়ার স্বরূপ, অস্তি ভাতি প্রিয়—এই সব বেদান্তের কথাই চলত।”
পরমহংসদেবের বেদান্তবিচার—‘অস্তি, ভাতি, প্রিয়’
অস্তি, ভাতি, প্রিয়—ঠাকুর এই কথা কটি বলেই আবার বুঝিয়ে দিতেন। বলতেন, “সেটা কী জানিস? —ব্রহ্মের স্বরূপ; বেদান্তে ঐ ভাবে বোঝানো আছে, যিনিই ‘অস্তি’ কি না—ঠিক ঠিক বিদ্যমান আছেন, তিনিই ‘ভাতি’ কি না—প্রকাশ পাচ্ছেন। এখন, ‘প্রকাশটা’ হচ্চে জ্ঞানের স্বভাব। যে জিনিসটার সম্বন্ধে আমাদের জ্ঞান হয়েছে সেটাই আমাদের কাছে প্রকাশিত রয়েছে। যেটার জ্ঞান নেই সে জিনিসটা আমাদের কাছে অপ্রকাশ রয়েছে। কেমন, না? তাই বেদান্ত বলে, যে জিনিসটার যখনই আমাদের অস্তিত্ব-বোধ হলো, তখনি অমনি সেই বোধের সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আমাদের কাছে দীপ্তিমান বা প্রকাশিত বলে বোধ হলো—অর্থাৎ তার জ্ঞান-স্বরূপের কথাটা আমাদের বোধ হলো। আর অমনি সেটা আমাদের প্রিয় বলে বোধ হলো—অর্থাৎ তার ভেতরের আনন্দ-স্বরূপ আমাদের মনে প্রিয় বুদ্ধির উদয় করে সেটাকে ভালবাসতে আমাদের আকর্ষণ করলে। এইরূপে যেখানেই আমাদের অস্তিত্ব-জ্ঞান হচ্চে, সেখানেই আবার সঙ্গে সঙ্গে জ্ঞান-স্বরূপ ও আনন্দ-স্বরূপের জ্ঞান হচ্চে। সেজন্য, যেটা ‘অস্তি’, সেটাই ‘ভাতি’ ও ‘প্রিয়’—যেটা ‘ভাতি’, সেটাই ‘অস্তি’ ও ‘প্রিয়’ এবং যেটা ‘প্রিয়’ সেটাই ‘অস্তি’ ও ‘ভাতি’ বলে বোধ হচ্চে। কারণ, যে ব্রহ্মবস্তু হতে এই জগৎ ও জগতের প্রত্যেক বস্তু ও ব্যক্তির উদয় হয়েছে, তাঁর স্বরূপই হচ্চে ‘অস্তি-ভাতি-প্রিয়’ বা সৎ-চিৎ-আনন্দ। সেজন্যই উত্তর গীতায় বলেছে—জ্ঞান হলে বোঝা যায়, যেখানে বা যে বস্তু বা ব্যক্তিতে তোমার মনকে টানছে, সেখানে বা সেই সেই বস্তু ও ব্যক্তির ভিতর পরমাত্মা রয়েছেন। ‘যত্র যত্র মনো যাতি তত্র তত্র পরং পদম্।’ রূপ-রসেও তাঁর অংশ রয়েছে বলে লোকের মন সেদিকে ছোটে, এ কথা বেদেও আছে।
“ঐ সব কথা নিয়ে তাদের ভেতর ধুম তর্কবিচার লেগে যেত। (আমার) আবার তখন খুব পেটের অসুখ, আমাশয়। হাতের জল শুকাত না! ঘরের কোণে হৃদু সরা পেতে রাখত। সেই পেটের অসুখে ভুগচি, আর তাদের ঐ সব জ্ঞান বিচার শুনচি! আর, যে কথাটার তারা কোন মীমাংসা করে উঠতে পারছে না, (নিজের শরীর দেখিয়ে) ভিতর থেকে তার এমন এক একটা সহজ কথায় মীমাংসা মা তুলে দেখিয়ে দিচ্চে—সেইটে তাদের বলচি, আর তাদের সব ঝগড়া-বিবাদ মিটে যাচ্চে!”
একজন সাধুর আনন্দ-স্বরূপ উপলব্ধির ফলে উচ্চাবস্থার কথা
“একবার এক সাধু এল, তার মুখখানিতে বেশ একটি সুন্দর জ্যোতিঃ রয়েছে। সে কেবল বসে থাকে আর ফিক্ ফিক্ করে হাসে! সকাল সন্ধ্যা একবার করে ঘরের বাইরে এসে সে গাছপালা, আকাশ, গঙ্গা সব তাকিয়ে তাকিয়ে দেখত ও আনন্দে বিভোর হয়ে দু-হাত তুলে নাচত; কখনও বা হেসে গড়াগড়ি দিত, আর বলত ‘বাঃ বাঃ ক্যায়া মায়া—ক্যায়সা প্রপঞ্চ বনায়া।’ অর্থাৎ, ঈশ্বর কী সুন্দর মায়া বিস্তার করেছেন। তার ঐ ছিল উপাসনা। তার আনন্দলাভ হয়েছিল।”
ঠাকুরের জ্ঞানোন্মাদ সাধু-দর্শন
“আর একবার এক সাধু আসে—সে জ্ঞানোন্মাদ! দেখতে যেন পিশাচের মতো—উলঙ্গ, গায়ে মাথায় ধুলো, বড় বড় নখ চুল, গায়ে মরার কাঁথার মতো একখানা কাঁথা! কালীঘরের সামনে দাঁড়িয়ে দর্শন করতে করতে এমন স্তব পড়লে, যেন মন্দিরটা সুদ্ধ কাঁপতে লাগল; আর মা যেন প্রসন্না হয়ে হাসতে লাগলেন। তারপর কাঙালীরা যেখানে বসে প্রসাদ পায় সেখানে তাদের সঙ্গে প্রসাদ পাবে বলে বসতে গেল। কিন্তু তার ঐ রকম চেহারা দেখে তারাও তাকে কাছে বসতে দিলে না, তাড়িয়ে দিলে। তারপর দেখি, প্রসাদ পেয়ে সকলে যেখানে উচ্ছিষ্ট পাতাগুলো ফেলেছে, সেখানে বসে কুকুরদের সঙ্গে এঁটো ভাতগুলো খাচ্চে! একটা কুকুরের ঘাড়ে হাত দিয়ে রয়েছে, আর একই পাতে ঐ কুকুরটাও খাচ্চে, আর সেও খাচ্চে! অচেনা লোকে ঘাড় ধরেছে, তাতে কুকুরটা কিছু বলছে না বা পালাতে চেষ্টা করচে না! তাকে দেখে মনে ভয় হলো যে, শেষে আমারও ঐরূপ অবস্থা হয়ে ঐ রকম থাকতে বেড়াতে হবে নাকি!”
ব্রহ্মজ্ঞানে গঙ্গার জল ও নর্দমার জল এক বোধ হয়; অপরের চোখে পরমহংসেরা বালক, পিশাচ বা উন্মাদের মতো
“দেখে এসেই হৃদুকে বললুম, ‘হৃদু, এ যে-সে উন্মাদ নয়—জ্ঞানোন্মাদ।’ ঐ কথা শুনে হৃদু তাকে দেখতে ছুটল। গিয়ে দেখে, তখন সে বাগানের বাইরে চলে যাচ্ছে। হৃদু অনেক দূর তার সঙ্গে সঙ্গে চলল, আর বলতে লাগল, ‘মহারাজ! ভগবানকে কেমন করে পাব, কিছু উপদেশ দিন।’ প্রথম কিছুই বললে না। তারপর যখন হৃদে কিছুতেই ছাড়লে না, সঙ্গে সঙ্গে যেতে লাগল, তখন পথের ধারের নর্দমার জল দেখিয়ে বললে—‘এই নর্দমার জল আর ঐ গঙ্গার জল যখন এক বোধ হবে, সমান পবিত্র জ্ঞান হবে, তখন পাবি’। এই পর্যন্ত—আর কিছুই বললে না। হৃদে আরও কিছু শোনবার ঢের চেষ্টা করলে, বললে, ‘মহারাজ! আমাকে চেলা করে সঙ্গে নিন।’ তাতে কোন কথাই বললে না। তারপর অনেক দূর গিয়ে একবার ফিরে দেখলে হৃদু তখনও সঙ্গে সঙ্গে আসচে। দেখেই চোখ রাঙিয়ে ইট তুলে হৃদেকে মারতে তাড়া করলে। হৃদে যেমন পালাল অমনি ইট ফেলে সে পথ ছেড়ে কোন্ দিকে যে সরে পড়ল, হৃদে তাকে আর দেখতে পেলে না। অমন সব সাধু, লোকে বিরক্ত করবে বলে ঐ রকম বেশে থাকে। ঐ সাধুটির ঠিক ঠিক পরমহংস অবস্থা হয়েছিল। শাস্ত্রে আছে, ঠিক ঠিক পরমহংসেরা বালকবৎ, পিশাচবৎ, উন্মাদবৎ হয়ে সংসারে থাকে। সেজন্য পরমহংসেরা ছোট ছোট ছেলেদের আপনাদের কাছে রেখে তাদের মতো হতে শেখে। ছেলেদের যেমন সংসারের কোন জিনিসটার আঁট নেই, সকল বিষয়ে সেই রকম হবার চেষ্টা করে। দেখিসনি, বালককে হয়তো একখানি নূতন কাপড় মা পরিয়ে দিয়েছে, তাতে কতই আনন্দ! যদি বলিস, ‘কাপড়খানি আমায় দিবি?’ সে অমনি বলে উঠবে, ‘না, দেব না, মা আমায় দিয়েচে।’ বলেই আবার হয়তো কাপড়ের খোঁটটা জোর করে ধরবে, আর তোর দিকে দেখতে থাকবে—পাছে তুই সেখানি কেড়ে নিস! কাপড়খানাতেই তখন যেন তার প্রাণটা সব পড়ে আছে! তার পরেই হয়তো তোর হাতে একটা সিকি-পয়সার খেলনা দেখে বলবে, ‘ঐটে দে, আমি তোকে কাপড়খানা দিচ্ছি।’ আবার কিছু পরেই হয়তো সে খেলনাটা ফেলে একটা ফুল নিতে ছুটবে। তার কাপড়েও যেমন আঁট, খেলনাটায়ও সেই রকম আঁট। ঠিক ঠিক জ্ঞানীদেরও ঐ রকম হয়।”
রামাইত বাবাজীদের দক্ষিণেশ্বরে আগমন
“এই রকম করে কতদিন গেল। তারপর তাদের (সন্ন্যাসী পরমহংসশ্রেণীর) যাওয়া-আসাটা কমে গেল। তারা গিয়ে, আসতে লাগল যত রামাইৎ বাবাজী—ভাল ভাল ত্যাগী ভক্ত বৈরাগী বাবাজী। দলে দলে আসতে লাগল। আহা, তাদের সব কী ভক্তি, বিশ্বাস! কী সেবায় নিষ্ঠা! তাদের একজনের কাছ (নিকট) থেকেই তো ‘রামলালা’[1] আমার কাছে থেকে গেল। সে সব ঢের কথা।”
রামলালা সম্বন্ধে ঠাকুরের কথা
“সে বাবাজী ঐ ঠাকুরটির চিরকাল সেবা করত। যেখানে যেত, সঙ্গে করে নিয়ে যেত। যা ভিক্ষা পেত রেঁধে-বেড়ে তাকে (রামলালাকে) ভোগ দিত। শুধু তাই নয়—সে দেখতে পেত রামলালা সত্য সত্যই খাচ্ছে বা কোন একটা জিনিস খেতে চাচ্চে, বেড়াতে যেতে চাচ্চে, আবদার করচে, ইত্যাদি! আর ঐ ঠাকুরটি নিয়েই সে আনন্দে বিভোর, ‘মত্ত’ হয়ে থাকত! আমিও দেখতে পেতুম, রামলালা ঐ রকম সব কচ্চে! আর রোজ সেই বাবাজীর কাছে চব্বিশ ঘণ্টা বসে থাকতুম—আর রামলালাকে দেখতুম!
“দিনের পর দিন যত যেতে লাগল, রামলালারও তত আমার উপর পিরীত বাড়তে লাগল। (আমি) যতক্ষণ বাবাজীর (সাধুর) কাছে থাকি ততক্ষণ সেখানে সে বেশ থাকে—খেলা-ধুলো করে; আর (আমি) যেই সেখান থেকে নিজের ঘরে চলে আসি, তখন সেও (আমার) সঙ্গে সঙ্গে চলে আসে! আমি বারণ করলেও সাধুর কাছে থাকে না! প্রথম প্রথম ভাবতুম, বুঝি মাথার খেয়ালে ঐ রকমটা দেখি। নইলে তার (সাধুর) চিরকেলে পুজোকরা ঠাকুর, ঠাকুরটিকে সে কত ভালবেসে—ভক্তি করে সন্তর্পণে সেবা করে, সে ঠাকুর তার (সাধুর) চেয়ে আমায় ভালবাসবে—এটা কি হতে পারে? কিন্তু ও রকম ভাবলে কী হবে? —দেখতুম, সত্য সত্য দেখতুম—এই যেমন তোদের সব দেখছি, এই রকম দেখতুম—রামলালা সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পেছনে নাচতে নাচতে আসছে। কখনো বা কোলে ওঠবার জন্য আবদার কচ্চে। আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি—কিছুতেই কোলে থাকবে না, কোল থেকে নেমে রোদে দৌড়াদৌড়ি করতে যাবে, কাঁটাবনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেমে ঝাঁপাই জুড়বে! যত বারণ করি, ‘ওরে, অমন করিসনি, গরমে পায়ে ফোস্কা পড়বে! ওরে, অত জল ঘাঁটিসনি, ঠাণ্ডা লেগে সর্দি হবে, জ্বর হবে’—সে কি তা শোনে? যেন কে কাকে বলছে! হয়তো সেই পদ্ম-পলাশের মতো সুন্দর চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়ে ফিক্ ফিক্ করে হাসতে লাগল, আর আরও দুরন্তপনা করতে লাগল বা ঠোঁট দুখানি ফুলিয়ে মুখভঙ্গি করে ভ্যাঙ্চাতে লাগল! তখন সত্য সত্যই রেগে বলতুম, ‘তবে রে পাজি, রোস্—আজ তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব!’ —বলে রোদ থেকে বা জল থেকে জোর করে টেনে নিয়ে আসি; আর এ জিনিসটা ও জিনিসটা দিয়ে ভুলিয়ে ঘরের ভেতর খেলতে বলি। আবার কখনো বা কিছুতেই দুষ্টামি থামছে না দেখে চড়টা চাপড়টা বসিয়েই দিতাম। মার খেয়ে সুন্দর ঠোঁট দুখানি ফুলিয়ে সজলনয়নে আমার দিকে দেখত! তখন আবার মনে কষ্ট হতো; কোলে নিয়ে কত আদর করে তাকে ভুলাতুম! এ রকম সব ঠিক ঠিক দেখতুম, করতুম!
“একদিন নাইতে যাচ্চি, বায়না ধরলে সেও যাবে! কী করি, নিয়ে গেলুম। তারপর জল থেকে আর কিছুতেই উঠবে না, যত বলি কিছুতেই শোনে না। শেষে রাগ করে জলে চুবিয়ে ধরে বললুম—তবে নে কত জল ঘাঁটতে চাস ঘাঁট; আর সত্য সত্য দেখলুম সে জলের ভিতর হাঁপিয়ে শিউরে উঠল! তখন আবার তার কষ্ট দেখে, কী করলুম বলে কোলে করে জল থেকে উঠিয়ে নিয়ে আসি!
“আর একদিন তার জন্য মনে যে কষ্ট হয়েছিল, কত যে কেঁদেছিলুম তা বলবার নয়। সেদিন রামলালা বায়না করচে দেখে ভোলাবার জন্য চারটি ধানসুদ্ধ খই খেতে দিয়েছিলুম। তারপর দেখি, ঐ খই খেতে খেতে ধানের তুষ লেগে তার নরম জিব চিরে গেছে! তখন মনে যে কষ্ট হলো; তাকে কোলে করে ডাক ছেড়ে কাঁদতে লাগলুম আর মুখখানি ধরে বলতে লাগলুম—‘যে মুখে মা কৌশল্যা, লাগবে বলে ক্ষীর, সর, ননীও অতি সন্তর্পণে তুলে দিতেন, আমি এমন হতভাগা যে, সেই মুখে এই কদর্য খাবার দিতে মনে একটুও সঙ্কোচ হলো না’!” —কথাগুলি বলতে বলতেই ঠাকুরের আবার পূর্বশোক উথলে উঠল এবং তিনি আমাদের সামনে অধীর হয়ে এমন ব্যাকুলভাবে কাঁদতে লাগলেন যে, রামলালার সঙ্গে তাঁর প্রেম-সম্বন্ধের কথার বিন্দুবিসর্গও বুঝতে না পারলেও আমাদের চোখে জল এল।
ঠাকুরের মুখে রামলালার কথা শুনে আমাদের কী মনে হয়
মায়াবদ্ধ জীব আমরা রামলালার এই সব কথা শুনে অবাক। ভয়ে ভয়ে (রামলালা) ঠাকুরটির দিকে তাকিয়ে দেখি, যদি কিছু দেখতে পাই। ওমা, কিছুই না! আর পাবই বা কেন? রামলালার উপর সে ভালোবাসার টান তো আর আমাদের নেই। ঠাকুরের মতো শ্রীরামচন্দ্রের ভাবটি ভিতরে ঘনীভূত হয়ে আমাদের সে ভাবচক্ষু তো খোলেনি যে বাইরেও রামলালাকে জীবন্ত দেখব। আমরা একটি ছোট পুতুলই দেখি, আর ভাবি, ঠাকুর যা বলছেন তা কি হতে পারে, তা কি সম্ভব? সংসারে সব বিষয়েই তো আমাদের এমনই হচ্ছে, আর অবিশ্বাসের ঝুড়ি নিয়ে বসে আছি! দেখো না—ব্রহ্মজ্ঞ ঋষি বললেন, ‘সর্বং খল্বিদং ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন’, জগতে এক সচ্চিদানন্দময় ব্রহ্মবস্তু ছাড়া আর কিছুই নেই; তোরা যে নানা জিনিস নানা ব্যক্তি সব দেখছিস, তার একটাও বাস্তবিক নেই। আমরা ভাবলাম, ‘হবেও বা’। সংসারের দিকে চেয়ে দেখলাম, একমেবাদ্বিতীয়ং ব্রহ্মবস্তুর নামগন্ধও খুঁজে পেলাম না; দেখতে পেলাম, কেবল কাঠ মাটি, ঘর দরজা, মানুষ, গরু, নানা রঙের জিনিস। না হয় বড় জোর দেখলাম, নীল সুনীল তারকামণ্ডিত অনন্ত আকাশ, শুভ্রকিরীটী হরিৎ-শ্যামলাঙ্গ ভূধর তাকে স্পর্শ করতে স্পর্ধা করছে; আর কলনাদিনী স্রোতস্বতীকুল ‘অত স্পর্ধা ভাল নয়’ বলে ভূধরকে ভর্ৎসনা করতে করতে নিম্নগা হয়ে তাকে দীনতা শিক্ষা দিচ্ছে! অথবা দেখলাম, বাত্যাহত অনন্ত জলধি বিশাল বিক্রমে সর্বগ্রাস করতে যেন ছুটে আসছে, কিন্তু সহস্র চেষ্টাতেও বেলাতিক্রম করতে পারছে না। আর ভাবলাম, ঋষিরা কি কোনো নেশা ভাঙ করে কথাগুলি বলেছেন? ঋষিরা যদি বললেন, ‘না হে বাপু, কায়মনোবাক্যে সংযম ও পবিত্রতার অভ্যাস করে একচিত্ত হও, চিত্তকে স্থির করো, তা হলেই আমরা যা বলেছি তা বুঝতে—দেখতে পাবে। দেখবে, জগৎটা তোমারই ভিতরের ভাবের ঘনীভূত প্রকাশ; দেখবে তোমার ভিতরে ‘নানা’ রয়েছে বলেই বাইরেও ‘নানা’ দেখছ।’ আমরা বললাম, ‘ঠাকুর, পেটের দায়ে ইন্দ্রিয়তাড়নায় অস্থির, আমাদের অত অবসর কোথায়?’ অথবা বললাম, ‘ঠাকুর, তোমার ব্রহ্মবস্তু দেখতে হলে যা যা করতে হবে বলে ফর্দ বের করলে, তা করা তো দু-চার দিন বা মাস বা বছরের কাজ নয়—মানুষে এক জীবনে করে উঠতে পারে কি না সন্দেহ। তোমাদের কথা শুনে ওই কাজে লেগে তারপর যদি ব্রহ্মবস্তু দেখতে না পাই, অনন্ত আনন্দলাভটা সব ফাঁকি বলে বুঝতে পারি, তা হলেই তো আমার এ কূলও গেল, ও কূলও গেল—না পৃথিবীর, ক্ষণস্থায়ীই হোক আর যা-ই হোক, সুখগুলো ভোগ করতে পেলাম, না তোমার অনন্ত সুখটাই পেলাম—তখন কী হবে? না, ঠাকুর! তুমি অনন্ত সুখের আস্বাদ পেয়ে থাকো তো ভালো—তুমিই তা শিষ্যপ্রশিষ্যক্রমে সুখে ভোগদখল করো; আমরা রূপরসাদি থেকে হাতে হাতে যে সুখটুকু পাচ্ছি, আমাদের সেটুকুই ভোগ করতে দাও; নানা তর্ক-যুক্তি, ফন্দি-ফারক্কা তুলে আমাদের সে ভোগটুকু মাটি কোরো না!’
বর্তমান কালের জড়বিজ্ঞান ভোগসুখবৃদ্ধিতে সহায়তা করে বলে আমাদের তাতে অনুরাগ
আবার দেখো, বিজ্ঞানবিদ্ এসে আমাদের বললেন, ‘আমি তোমাকে যন্ত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি—এক সর্বব্যাপী প্রাণপদার্থ ইট-কাঠ, সোনা-রুপো, গাছ-পালা, মানুষ-গরু সকলের ভিতরেই সমভাবে থেকে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশিত হচ্ছে।’ আমরা দেখলাম, বাস্তবিকই সকলের ভিতরে প্রাণস্পন্দন পাওয়া যাচ্ছে! বললাম—‘বা! বা! তোমার বুদ্ধিখানার দৌড় খুব বটে। কিন্তু শুধু ওই জ্ঞান নিয়ে কী হবে? ও কথা তো আমাদের শাস্ত্রকর্তা ঋষিরা বলে গেছেন বহুকাল আগে।[2] তুমি না হয় তা এখন দেখাতেই পারলে। তার সাহায্যে আমাদের রূপরসাদি-ভোগের কিছু বৃদ্ধি হবে বলতে পারো? তা হলে তো বুঝি।’ বিজ্ঞানবিদ্ বললেন—‘হবে না? নিশ্চয়ই হবে। এই দেখো না, তড়িৎ-শক্তির পরিচয় পেয়ে তোমার দেশ-দেশান্তরের সংবাদ পাওয়ার কত সুবিধা হয়েছে; বিস্ফোরক পদার্থের গূঢ় নিয়ম বুঝে বন্দুক কামান বানিয়ে তোমার ভোগসুখলাভের অন্তরায় যে শত্রুকুল, তাদের নাশ করার কত সুবিধা হয়েছে। এভাবে আজ আবার এই যে সর্বব্যাপী প্রাণশক্তির পরিচয় পেলে, তাতেও পরে সেরকম কিছু না কিছু সুবিধা হবেই হবে।’ তখন আমরা বললাম, ‘তা বটে; আচ্ছা, কিন্তু যত তাড়াতাড়ি পারো ওই নবাবিষ্কৃত শক্তি প্রয়োগ করে যাতে আমাদের ভোগের বৃদ্ধি হয়, সেদিকে লক্ষ রেখে যা হয় কিছু একটা বের করে ফেলো; তা হলেই বুঝব, তুমি বাস্তবিক বুদ্ধিমান বটে; ওই বেদ-পুরাণ-বক্তা ঋষিগুলোর মতো তুমি নেশা ভাঙ করে কথা বলো না।’ বিজ্ঞানবিদ্ও শুনে আমাদের ধারা বুঝে বললেন—‘তথাস্তু’!
বৌদ্ধযুগের শেষে কাপালিকদের সকাম ধর্মপ্রচারের ফল। যোগ ও ভোগ একত্র থাকা অসম্ভব
ধর্মজগতে জ্ঞানকাণ্ডের প্রচারক ঋষিরা ওইভাবে ‘তথাস্তু’ বলতে পারলেন না বলেই তো যত গোল বেধে গেল। আর সংসারের কোলাহল থেকে দূরে ঝোড়ে জঙ্গলে বাস করে দুই-চারটে সংসারবিরাগী লোককে নিয়েই তাঁদের সন্তুষ্ট থাকতে হল! তবে ভারতে ধর্মজগতে ওইরকম ‘তথাস্তু’ বলার চেষ্টা কোনো কালে কখনও যে হয়নি, তা মনে হয় না। বৌদ্ধযুগের শেষের কথাটা স্মরণ করো—যখন তান্ত্রিক কাপালিকেরা মারণ, উচাটন, বশীকরণাদির বিপুল প্রসার ঘটাচ্ছেন, যখন শান্তি-স্বস্ত্যয়নাদিতে মানুষের শারীরিক ও মানসিক ব্যাধির উপশম ও আরোগ্যের এবং ভূত-প্রেত তাড়ানোর খুব ধুমধাম পড়েছে, যখন তপস্যালব্ধ সিদ্ধাই-প্রভাবে অলৌকিক কিছু একটা না দেখাতে পারলে এবং শিষ্যবর্গের সাংসারিক ভোগসুখাদি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেভাবে দৈবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার আছে, লোকের কাছে এমন ভান না করতে পারলে তুমি ধার্মিক বলেই পরিচিত হতে পারতে না—সেই যুগের কথা স্মরণ করো। তখন ধর্মজগৎ একবার ধর্মনিহিত গূঢ় সত্যগুলিকে ভোগের কামনা পূর্ণ করার সহায়ক বলে সংসারী মানুষের কাছে প্রচার করতে বদ্ধপরিকর হয়েছিল। কিন্তু আলো ও অন্ধকার একসঙ্গে একই স্থানে এক সময়ে থাকবে কীভাবে? ফলে অল্পকালের মধ্যেই কাপালিক তান্ত্রিকদের যোগ ভুলে ভোগভূমিতে অবরোহণ এবং ধর্মের নামে রূপরসাদি সুবিস্তৃত ভোগশৃঙ্খলের গুপ্ত প্রচার! তখন দেশের যথার্থ ধার্মিকেরা আবার বুঝল যে, যোগ-ভোগ দুই পদার্থ পরস্পরবিরোধী—একসঙ্গে একাধারে কোনোভাবেই থাকতে পারে না, এবং এ কথা বুঝে পুনরায় ঋষিকুল-প্রবর্তিত জ্ঞানমার্গের পক্ষপাতী হয়ে জীবনে তা সাধন করতে লাগল।
ঠাকুরের নিজের অদ্ভুত ত্যাগ এবং ত্যাগধর্মের প্রচার দেখে সংসারী লোকের ভয়
আমাদেরও সংসারী মানুষের মতে মত দিয়ে তেমন করে ‘তথাস্তু’ বলার সুযোগ কোথায়? আমরা যে এক জগৎছাড়া ঠাকুরের কথা বলতে বসেছি—যাঁর মনে ত্যাগের ভাব এত বদ্ধমূল হয়ে গিয়েছিল যে, সুষুপ্তাবস্থাতেও হাতে ধাতুর স্পর্শ লাগলে হাত সংকুচিত ও আড়ষ্ট হয়ে যেত এবং শ্বাস-প্রশ্বাস রুদ্ধ হয়ে প্রাণের ভিতর বিষম যন্ত্রণা দেখা দিত! —যাঁর মনে স্ত্রী-শরীর দেখলেই জগজ্জননীর সাক্ষাৎ প্রতিমূর্তি বলে জ্ঞান উদয় হত, নানা লোকে নানা চেষ্টা করেও সেই ভাব দূর করতে পারেনি! —হাজার হাজার টাকার সম্পত্তি দিতে চেয়েছিল বলে যাঁর মনে এমন বিষম যন্ত্রণা হয়েছিল যে, পরম অনুগত মথুরকে লাঠি হাতে আরক্ত-নয়নে মারতে ছুটোছুটি করেছিলেন এবং পরেও সে-সব কথা আমাদের কাছে কখনও কখনও বলতে বলতে উত্তেজিত হয়ে বলতেন, ‘মথুর ও লক্ষ্মীনারায়ণ মাড়োয়ারী বিষয় লেখাপড়া করে দেবে শুনে মাথায় যেন করাত বসিয়ে দিয়েছিল, এমন যন্ত্রণা হয়েছিল!’ —যাঁর মনে সংসারের রূপরসাদি কখনও আসক্তির কলঙ্ক-কালিমা এনে সমাধিভূমির অতীন্দ্রিয় আনন্দানুভবে বিন্দুমাত্র বিচ্ছেদ ঘটাতে পারেনি—এ সৃষ্টিছাড়া ঠাকুরের কথা বলতে গিয়ে আমাদের যে অনেক তিরস্কার-লাঞ্ছনা সহ্য করতে হবে, হে ভোগলোলুপ সংসারী মানব, তা আমরা বহু আগে থেকেই জানি। শুধু তা-ই নয়, পাছে তোমার দলবল, আত্মীয়-স্বজন, পুত্র-পৌত্রাদির ভিতর সরলমতি কেউ এ অলৌকিক চরিত্রের প্রতি আমাদের কথায় সত্যি সত্যিই আকৃষ্ট হয়ে ভোগ-সুখে জলাঞ্জলি দিয়ে সংসারের বাইরে যাওয়ার চেষ্টা করে, সেজন্য তুমি এ দেবচরিত্রেও যে কলঙ্ক আরোপ করতে কুণ্ঠিত হবে না—তাও আমরা জানি। কিন্তু জেনে কী হবে? যখন এ কাজে হাত দিয়েছি, তখন আর আমাদের বিরত হওয়ার বা অন্তত আংশিক গোপন করে সত্য বলার সামর্থ্য নেই। যতদূর জানি, সমস্ত কথাই বলে যেতে হবে। নইলে শান্তি নেই। কে যেন জোর করে বলাচ্ছে যে! অতএব আমরা এ অদৃষ্টপূর্ব দেবমানবের কথা যতদূর জানি বলে যাই, আর তুমি এই সব কথা যতটা ইচ্ছা ‘ন্যাজামুড়ো বাদ দিয়ে’ নিজের যতটা ‘রয় সয়’ ততটা নিও, বা ইচ্ছা হলে ‘কতকগুলো গাঁজাখুরি কথা লিখেছে’ বলে বইখানা দূরে ছুড়ে ফেলে নিত্য নতুন ফুলে ‘বিষয়-মধু’ পান করতে ছুটে যেও। পরে, সংসারে বিষম ঘূর্ণিপাকে পড়ে যদি কখনও ‘বিষয়-মধু তুচ্ছ হলো, কামাদি-কুসুমসকলে’—এমন অবস্থা তোমার ভাগ্যদোষে (বা গুণে?) এসে পড়ে, তখন এ অলৌকিক পুরুষের লীলাপ্রসঙ্গ পড়ো—নিজেও শান্তি পাবে এবং আমাদের ঠাকুরেরও ‘কদর’ বুঝবে।
রামলালা কীভাবে ঠাকুরের কাছে থেকে গেলেন
‘রামলালা’র এমন অদ্ভুত আচরণের কথা বলতে বলতে ঠাকুর বলতেন—“এক এক দিন রেঁধেবেড়ে ভোগ দিতে বসে বাবাজী (সাধু) রামলালাকে দেখতেই পেত না। তখন মনে ব্যথা পেয়ে এখানে (ঠাকুরের ঘরে) ছুটে আসত; এসে দেখত রামলালা ঘরে খেলা করচে! তখন অভিমানে তাকে কত কী বলত! বলত, ‘আমি এত করে রেঁধেবেড়ে তোকে খাওয়াব বলে খুঁজে বেড়াচ্চি, আর তুই কি না এখানে নিশ্চিন্ত হয়ে ভুলে রয়েছিস! তোর ধারাই ঐরূপ, যা ইচ্ছা তাই করবি; মায়া দয়া কিছুই নেই! বাপ-মাকে ছেড়ে বনে গেলি, বাপটা কেঁদে কেঁদে মরে গেল, তবুও ফিরলি না—তাকে দেখা দিলি না!’ —এইরকম সব কত কী বলে রামলালাকে টেনে নিয়ে গিয়ে খাওয়াত! এই রকমে দিন যেতে লাগল। সাধু এখানে অনেক দিন ছিল—কারণ রামলালা এখান (আমাকে) ছেড়ে যেতে চায় না—আর সেও চিরকালের আদরের রামলালাকে ফেলে যেতে পারে না!
“তারপর একদিন বাবাজী হঠাৎ এসে সজলনয়নে বললে, ‘রামলালা আমাকে কৃপা করে প্রাণের পিপাসা মিটিয়ে যেমন ভাবে দেখতে চাইতাম তেমনি করে দর্শন দিয়েছে ও বলেছে, এখান থেকে যাবে না; তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না! আমার এখন আর মনে দুঃখকষ্ট নাই! তোমার কাছে ও সুখে থাকে, আনন্দে খেলাধুলো করে, তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই। এখন আমার এমনটা হয়েছে যে ওর যাতে সুখ, তাতেই আমার সুখ! সেজন্য আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারব। তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে।’ —এই বলে রামলালাকে আমায় দিয়ে বিদায় গ্রহণ করলে। সেই অবধি রামলালা এখানে রয়েছে।”
ঠাকুরের দেবসঙ্গে বাবাজীর স্বার্থশূন্য প্রেমানুভব
আমরা বুঝলাম, ঠাকুরের দেবসঙ্গেই বাবাজীর মন স্বার্থগন্ধহীন ভালোবাসার আস্বাদন পেল এবং বুঝতে পারল যে, সেই প্রেমে প্রেমাস্পদের সঙ্গে আর বিচ্ছেদের আশঙ্কা নেই। বুঝল যে, তার শুদ্ধ-প্রেমঘন উপাস্য তার কাছেই সর্বদা রয়েছেন, যখনই ইচ্ছা তখনই তাঁর দর্শন পাবে! সাধু সেই আশ্বাস পেয়েই যে প্রাণের রামলালাকে ছেড়ে যেতে পেরেছিল, তা নিঃসংশয়।
জনৈক সাধুর রামনামে বিশ্বাস
ঠাকুর বলতেন, “আবার এক সাধু এসেছিল, তার ঈশ্বরের নামেই একান্ত বিশ্বাস! সেও রামাৎ; তার সঙ্গে অন্য কিছুই নেই, কেবল একটি লোটা (ঘটি) ও একখানি গ্রন্থ। গ্রন্থখানি তার বড়ই আদরের—ফুল দিয়ে নিত্য পূজা করত ও এক একবার খুলে দেখত। তার সঙ্গে আলাপ হবার পর একদিন অনেক করে বলে কয়ে বইখানি দেখতে চেয়ে নিলুম। খুলে দেখি তাতে কেবল লাল কালিতে বড় বড় হরফে লেখা রয়েছে, ‘ওঁ রামঃ!’ সে বললে, ‘মেলা গ্রন্থ পড়ে কী হবে? এক ভগবান থেকেই তো বেদ-পুরাণ সব বেরিয়েছে; আর তাঁর নাম এবং তিনি তো অভেদ; অতএব চার বেদ, আঠার পুরাণে, আর সব শাস্ত্রে যা আছে, তাঁর একটি নামেতে সে-সব রয়েছে! তাই তাঁর নাম নিয়েই আছি!’ তার (সাধুর) নামে এমনি বিশ্বাস ছিল!”
রামাইত সাধুদের ভজন-সংগীত ও দোঁহাবলি
এভাবে কত সাধুর কথাই না ঠাকুর আমাদের কাছে বলতেন; আবার কখনও কখনও সেই সব রামাইৎ বাবাজীদের কাছে ভগবানের যে-সব ভজন শিখেছিলেন, তা গেয়ে আমাদের শোনাতেন। যেমন –
(মেরা) রামকো না চিনা হ্যায়, দিল্, চিনা হ্যায় তুম্ ক্যারে;
আওর্ জানা হ্যায় তুম্ ক্যারে।
সন্ত্ ওহি যো, রাম-রস চাখে
আওর্ বিষয়-রস চাখা হ্যায় সো ক্যারে॥
পুত্র ওহি যো, কুলকো তারে
আওর্ যো সব পুত্র হ্যায় সো ক্যারে॥
অথবা –
সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রঘুরাঈ।
ভজলে অযোধ্যানাথ, দুসরা ন কোঈ॥
হসন বোলন চতুর চাল, অয়ন বয়ান দৃগ্-বিশাল।
ভ্রূকুটি কুটিল তিলক ভাল, নাসিকা শোভাঈ॥
কেশরকো তিলক ভাল, মানো রবি প্রাতঃকাল।
শ্রবণ-কুণ্ডল-ঝলমলাত, রতিপতি-ছবি-ছাঈ॥
মোতিনকো কণ্ঠমাল, তারাগণ উর বিশাল।
মানো গিরি শিখর ফোড়ি, সুরসরি বহিরাঈ॥
বিহরে রঘুবংশবীর, সখা সহিত সরযূতীর।
তুলসীদাস হরষ নিরখি, চরণরজ পাঈ॥
অথবা গাইতেন –
‘রাম ভজা সেই জিয়ারে জগমে,
রাম ভজা সেই জিয়ারে॥’
অথবা –
‘মেরা রাম বিনা কোহি নাহিরে তারণ-ওয়ালা!’
– এই মধুর গীত দুটির অপর চরণগুলি আমরা ভুলে গিয়েছি।
কখনও বা আবার ঠাকুর সেই সব সাধুর কাছে যে-সব দোঁহা শিখেছিলেন, তা-ই আমাদের শোনাতেন। বলতেন, “সাধুরা চুরি, নারী ও মিথ্যা এই তিনের হাত থেকে সর্বদা আপনাকে বাঁচাতে উপদেশ করে।” বলেই আবার বলতেন, “এই তুলসীদাসের দোঁহায় সব কী বলছে শোন্ –
সত্যবচন অধীনতা পরধন-উদাস।
ইস্সে না হরি মিলে তো জামিন্ তুলসীদাস॥
সত্যবচন অধীনতা পরস্ত্রী মাতৃ সমান।
ইস্সে না হরি মিলে, তুলসী ঝুট্ জবান্॥”
“অধীনতা কী জানিস—দীনভাব। ঠিক ঠিক দীনভাব এলে অহঙ্কারের নাশ হয় ও ঈশ্বরকে পাওয়া যায়। কবীরদাসের গানেও ঐ কথা আছে –
সেবা বন্দি আওর্ অধীনতা, সহজ মিলি রঘুরাঈ।
হরিষে লাগি রহোরে ভাই॥” ইত্যাদি।
সকল সম্প্রদায়ের সাধকদের সাধনের প্রয়োজনীয় দ্রব্য দিতে ঠাকুরের ইচ্ছা ও রাজকুমারের (অচলানন্দের) কথা
আবার একদিন ঠাকুর বললেন, “এক সময়ে এমনটা মনে হলো যে, সকল রকমের সাধকদের যা কিছু জিনিস সাধনার জন্য দরকার, সে সব তাদের যোগাব! তারা এইসব পেয়ে নিশ্চিন্ত হয়ে বসে ঈশ্বর সাধনা করবে, তাই দেখব আর আনন্দ করব। মথুরকে বললুম। সে বললে, ‘তার আর কী বাবা, সব বন্দোবস্ত করে দিচ্চি; তোমার যাকে যা ইচ্ছা হবে দিও।’ ঠাকুরবাড়ির ভাণ্ডার থেকে চাল, ডাল, আটা প্রভৃতি যার যেমন ইচ্ছা তাকে সেই রকম সিধা দেবার বন্দোবস্ত তো ছিলই—তার উপর মথুর সাধুদের দেবার জন্য লোটা, কমণ্ডলু, কম্বল, আসন, মায় তারা যে-সব নেশা ভাঙ করে—সিদ্ধি, গাঁজা, তান্ত্রিক সাধুদের জন্য ‘কারণ’ প্রভৃতি সকল জিনিস দেবার বন্দোবস্ত করে দিলে। তখন তান্ত্রিক সাধক ঢের আসত ও শ্রীচক্রের অনুষ্ঠান করত! আমি আবার তাদের সাধনার দরকার বলে আদা পেঁয়াজ ছাড়িয়ে, মুড়ি কড়াইভাজা আনিয়ে সব যোগাড় করে দিতুম; আর তারা সব ঐ নিয়ে পূজা করছে, জগদম্বাকে ডাকছে, দেখতুম। আমাকে তারা আবার অনেক সময় চক্রে নিয়ে বসত, অনেক সময় চক্রেশ্বর করে বসাত; ‘কারণ’ গ্রহণ করতে অনুরোধ করত। কিন্তু যখন বুঝত যে, ও সব গ্রহণ করতে পারি না, নাম করলেই নেশা হয়ে যায়, তখন আর অনুরোধ করত না। তাদের সঙ্গে বসলে ‘কারণ’ গ্রহণ করতে হয় বলে ‘কারণ’ নিয়ে কপালে ফোঁটা কাটতুম বা আঘ্রাণ নিতুম বা বড়জোর আঙুলে করে মুখে ছিটে দিতুম আর তাদের পাত্রে সব ঢেলে ঢেলে দিতুম। দেখতুম, তাদের ভিতর কেউ কেউ তা গ্রহণ করেই ঈশ্বর চিন্তায় মন দেয়, বেশ তন্ময় হয়ে তাঁকে ডাকে। অনেকে আবার কিন্তু দেখলুম লোভে পড়ে খায়, আর জগদম্বাকে ডাকা দূরে থাক বেশি খেয়ে শেষটা মাতাল হয়ে পড়ে। একদিন ঐ রকমে বেশি ঢলাঢলি করাতে শেষটা ওসব (কারণাদি) দেওয়া বন্ধ করে দিলুম! রাজকুমারকে[3] কিন্তু বরাবর দেখেছি, গ্রহণ করেই তন্ময় হয়ে জপে বসত; কখনো অন্য দিকে মন দিত না। শেষটা কিন্তু যেন একটু নাম-যশ-প্রতিষ্ঠার দিকে ঝোঁক হয়েছিল। হতেই পারে—ছেলেপিলে পরিবার ছিল—বাড়িতে অভাবের দরুন টাকাকড়ি-লাভের দিকে একটু-আধটু মন দিতে হতো; তা যাই হোক, সে কিন্তু বাবু, সাধনার সহায় বলেই ‘কারণ’ গ্রহণ করত; লোভে পড়ে ঐ সব খেয়ে কখনো ঢলাঢলি করেনি—ওটা দেখেছি।”
ঠাকুরের ‘সিদ্ধি’ বা ‘কারণ’ বলামাত্র ঈশ্বরীয় ভাবে তন্ময় হয়ে নেশা; ও খিস্তি-খেউড়-উচ্চারণেও সমাধি
ঠাকুর ‘কারণ’ গ্রহণ করতে কখনও পারতেন না—এ প্রসঙ্গে কত কথাই না মনে জাগছে! কতদিন না আমাদের সামনে তিনি কথা-প্রসঙ্গে ‘সিদ্ধি’, ‘কারণ’ প্রভৃতি পদার্থের নাম করতে করতে নেশায় ভরপুর হয়ে, এমনকি সমাধিস্থ পর্যন্ত হয়ে পড়েছেন—দেখেছি! স্ত্রী-শরীরের বিশেষ গোপনীয় অঙ্গ, যার নাম শুনলেই সভ্যতাভিমানী জুয়াচোর আমাদের মনে কুৎসিত ভোগের ভাবই জাগে, বা তেমন ভাব জাগবে নিশ্চিত জেনে আমাদের ভিতর যাঁরা শিষ্ট, তাঁরা ‘অশ্লীল’ বলে কানে আঙুল দিয়ে দূরে পালিয়ে আত্মরক্ষা করেন, সেই অঙ্গের নাম করতে করতেই এ অদ্ভুত ঠাকুরকে কতদিন না সমাধিস্থ হয়ে পড়তে দেখেছি! আবার দেখেছি—সমাধি-ভূমি থেকে কিছু নিচে নেমে একটু বাহ্যদশা প্রাপ্ত হয়েই সেই প্রসঙ্গে বলছেন, “মা, তুইতো পঞ্চাশৎ-বর্ণ-রূপিণী; তোর যে-সব বর্ণ নিয়ে বেদ-বেদান্ত, সেই সবই তো খিস্তি-খেউড়ে! তোর বেদ-বেদান্তের ক খ আলাদা, আর খেউড়ের ক খ আলাদা তো নয়! বেদ-বেদান্তও তুই, আর খিস্তি-খেউড়ও তুই।” এই বলতে বলতে আবার সমাধিস্থ হয়ে পড়লেন! হায়, হায়, বলা-বোঝানোর কথা দূরে থাক, কে বুঝবে এ অলৌকিক দেবমানবের নয়নে জগতের ভালো-মন্দ সকল পদার্থই কী অনির্বচনীয়, আমাদের মনোবুদ্ধির অগোচর, এক অপূর্ব আলোয় প্রকাশিত ছিল! কে সে চক্ষু পাবে যে, তাঁর মতো দৃষ্টিতে জগৎ-সংসারটা দেখতে পাবে! হে পাঠক, অবহিত হও; স্তম্ভিত মনে কথাগুলি হৃদয়ে যত্নে ধারণ করো, আর ভাবো—এ অদ্ভুত ঠাকুরের মানসিক পবিত্রতা কী সুগভীর, কী দুরবগাহ!
শ্রীশ্রীজগদম্বার কৃপাপাত্র শ্রীরামপ্রসাদ গেয়েছেন—“সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। আমার মন-মাতালে মাতাল করে, যত মদ-মাতালে মাতাল বলে” ইত্যাদি। বাস্তবিক, নেশা-ভাঙ না করে কেবল ভগবদানন্দে লোকে যে তেমন অবস্থায় পৌঁছতে পারে, আমরা যে অবস্থাকে বেয়াড়া মাতাল বলি, এ কথা ঠাকুরকে দেখার আগে আমরা ধারণাই করতে পারতাম না। আমাদের বেশ মনে আছে, আমাদের জীবনে একটা সময় এমন গিয়েছে, যখন কোনো এক গ্রন্থে ‘হরি’ বললেই মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের বাহ্যজ্ঞান লুপ্ত হত—এ কথা পড়ে গ্রন্থকারকে কুসংস্কারাপন্ন নির্বোধ বলে ধারণা করেছিলাম। তখন সব বিষয়ে ওইরকম একটা সন্দেহ, অবিশ্বাসের তরঙ্গ যেন শহরের সকল যুবকেরই মনে চলছিল! তার পরেই এই অলৌকিক ঠাকুরের সঙ্গে দেখা। দেখা, দিনে রাতে সব সময়ে দেখা, নিজের চোখে দেখা যে, কীর্তনানন্দে তাঁর উদ্দাম নৃত্য ও ঘন ঘন বাহ্যজ্ঞানের লোপ—টাকা পয়সা হাতে স্পর্শ করালেই সেই অবস্থাপ্রাপ্তি—‘সিদ্ধি’, ‘কারণ’ প্রভৃতি নেশার পদার্থের নাম করামাত্র ভগবদানন্দের উদ্দীপন হয়ে ভরপুর নেশা—ঈশ্বরের বা তাঁর অবতারদের নামের কথা দূরে থাক, যে নামের উচ্চারণে সাধারণ লোকের মনে কুৎসিত ইন্দ্রিয়জ আনন্দেরই উদ্দীপনা হয়, তাতে ব্রহ্মযোনি ত্রিজগৎপ্রসবিনী আনন্দময়ী জগদম্বার উদ্দীপন হয়ে ইন্দ্রিয়সম্পর্কমাত্রশূন্য বিমল আনন্দে একেবারে আত্মহারা হয়ে পড়া! এখনও কি বলতে হবে, এ অলৌকিক দেবমানবের কী এমন গুণ দেখে আমাদের চোখ চিরকালের মতো ঝলসে গেল, যাতে তাঁকে ঈশ্বরাবতার-জ্ঞানে হৃদয়ে আসন দিলাম?
এ বিষয়ে ১ম দৃষ্টান্ত—রামচন্দ্র দত্তের বাড়িতে
ঠাকুরের পরম ভক্ত, পরলোকগত ডাক্তার শ্রীরামচন্দ্র দত্তের সিমলার (কলিকাতা) ভবনে ঠাকুর ভক্তসঙ্গে গিয়ে অনেক সময়ে অনেক আনন্দ করতেন। একদিন সেইরকমই কিছুক্ষণ ঈশ্বরীয় প্রসঙ্গে আনন্দ করে দক্ষিণেশ্বরে ফিরবেন বলে বেরোলেন। রামবাবুর বাড়িখানি গলির[4] ভিতর, বাড়ির সামনে গাড়ি আসতে পারে না। বাড়ির কিছু দূরে পুবের বা পশ্চিমের বড় রাস্তায় গাড়ি রেখে হেঁটে বাড়িতে আসতে হয়। ঠাকুরের যাওয়ার জন্য একখানি গাড়ি পশ্চিমের বড় রাস্তায় অপেক্ষা করছিল। ঠাকুর সেদিকে হেঁটে চললেন, ভক্তেরা তাঁর পিছন পিছন যেতে লাগলেন। কিন্তু ভগবদানন্দে সেদিন ঠাকুর এমন টলমল করছিলেন যে, এখানে পা ফেলতে ওখানে পড়ছে। কাজেই বিনা সাহায্যে ওই কয়েক পা যেতে পারলেন না। দুজন ভক্ত দুই দিক থেকে তাঁর হাত ধরে ধীরে ধীরে নিয়ে যেতে লাগল। গলির মোড়ে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিলেন—তাঁরা ঠাকুরের ব্যাপার বুঝবেন কী করে? নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ‘উঃ! লোকটা কী মাতাল হয়েছে হে!’ কথাগুলি নিচু গলায় বললেও আমরা শুনতে পেলাম। শুনে না হেসে থাকতে পারলাম না; আর মনে মনে বললাম, ‘তা বটে’।
এর ২য় দৃষ্টান্ত—দক্ষিণেশ্বরে শ্রীশ্রীমার সামনে
দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রীশ্রীমাতাঠাকুরানীকে পান সাজতে ও তাঁর বিছানা ঝেড়ে ঘরটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে রাখতে বলে ঠাকুর কালীঘরে শ্রীশ্রীজগন্মাতাকে দর্শন করতে গেলেন। শ্রীশ্রীমা ক্ষিপ্রহস্তে সেই সব কাজ প্রায় শেষ করেছেন, এমন সময় ঠাকুর মন্দির থেকে ফিরলেন—একেবারে যেন পুরোদস্তুর মাতাল! চোখ রক্তবর্ণ, এখানে পা ফেলতে ওখানে পড়ছে, কথা জড়িয়ে অস্পষ্ট অব্যক্ত হয়ে গিয়েছে! ঘরের ভিতর ঢুকে ওইভাবে টলতে টলতে একেবারে শ্রীশ্রীমার কাছে এসে উপস্থিত হলেন। শ্রীশ্রীমা তখন একমনে ঘরের কাজ করছেন, ঠাকুর যে তাঁর কাছে এমনভাবে এসেছেন তা জানতেও পারেননি। এমন সময়ে ঠাকুর মাতালের মতো তাঁর গা ঠেলে তাঁকে ডেকে বললেন, “ওগো, আমি কি মদ খেয়েছি?” তিনি পিছন ফিরে হঠাৎ ঠাকুরকে ওই ভাবাবস্থায় দেখে একেবারে স্তম্ভিত! বললেন—‘না, না, মদ খাবে কেন?’
ঠাকুর— তবে কেন টলচি? তবে কেন কথা কইতে পাচ্চি না? আমি মাতাল?
শ্রীশ্রীমা— না, না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ।
ঠাকুর ‘ঠিক বলেছ’ বলেই আনন্দ প্রকাশ করতে লাগলেন।
এর ৩য় দৃষ্টান্ত—কাশীপুরে মাতাল দেখে
কলিকাতার ভক্তেরা ঠাকুরের কাছে এসে কৃপা লাভ করার পর থেকেই ঠাকুর প্রায় প্রতি সপ্তাহেই দু-একবার কলিকাতায় কোনো না কোনো ভক্তের বাড়িতে যাতায়াত করতেন। নিয়মিত সময়ে কেউ তাঁর কাছে আসতে না পারলে এবং অন্য কারও মুখে তার কুশল-সংবাদ না পেলে কৃপাময় ঠাকুর স্বয়ং তাকে দেখতে ছুটতেন। আবার নিয়মিত সময়ে এলেও কাউকে কাউকে দেখার জন্য কয়েক দিনের মধ্যেই তাঁর মন চঞ্চল হয়ে উঠত। তখন তাকে দেখার জন্য ছুটতেন। কিন্তু সব সময়েই দেখা যেত, তাঁর এমন শুভাগমন সেই সব ভক্তের কল্যাণের জন্যই হত। তাতে তাঁর নিজের বিন্দুমাত্রও স্বার্থ থাকত না। বরাহনগরে বেণী সাহার কতকগুলি ভালো ভাড়াটে গাড়ি ছিল। ঠাকুর প্রায়ই কলিকাতা আসতেন বলে তার সঙ্গে বন্দোবস্ত ছিল যে, ঠাকুর বলে পাঠালেই সে দক্ষিণেশ্বরে গাড়ি পাঠাবে এবং কলিকাতা থেকে ফিরতে যত রাতই হোক না কেন গোলমাল করবে না; বেশি সময়ের জন্য নির্দিষ্ট হারে বেশি ভাড়া পাবে। প্রথমে মথুরবাবু, পরে পানিহাটির মণি সেন, পরে শম্ভু মল্লিক এবং তারপর কলিকাতা সিঁদুরিয়াপটির শ্রীযুক্ত জয়গোপাল সেন ঠাকুরের এই সব গাড়িভাড়ার খরচ জোগাতেন। তবে যাঁর বাড়িতে যেতেন, পারলে সেদিনকার গাড়িভাড়া তিনিই দিতেন।
আজ ঠাকুর সেইরকমই কলিকাতায় যাবেন—যদু মল্লিকের বাড়িতে। মল্লিক মহাশয়ের মাতাঠাকুরানী ঠাকুরকে বিশেষ ভক্তি করতেন—তাঁকে দেখে আসবেন; কারণ, অনেক দিন তাঁদের কোনো সংবাদ পাননি। ঠাকুরের খাওয়াদাওয়া হয়ে গিয়েছে, গাড়ি এসেছে। এমন সময় আমাদের বন্ধু অ—কলিকাতা থেকে নৌকা করে তাঁকে দর্শন করতে এসে উপস্থিত। ঠাকুর অ-কে দেখেই কুশল-প্রশ্ন করে বললেন, “তা বেশ হয়েছে, তুমি এসেছ। আজ আমি যদু মল্লিকের বাড়িতে যাচ্চি; অমনি তোমাদের বাড়িতেও নেবে একবার গি-কে দেখে যাব; সে কাজের ভিড়ে অনেক দিন এদিকে আসতে পারেনি। চল, একসঙ্গেই যাওয়া যাক।” অ—সম্মত হলেন। অ-র তখন ঠাকুরের সঙ্গে নতুন আলাপ, কয়েকবার মাত্র নানা জায়গায় তাঁকে দেখেছেন। আমরা যেসব বস্তু ও ব্যক্তিকে তুচ্ছ, ঘৃণ্য, অস্পৃশ্য বা দেখার অযোগ্য বলি, সেসব দেখেও অদ্ভুত ঠাকুরের যে ঈশ্বরোদ্দীপনায় ভাবসমাধি যেখানে সেখানে যখন তখন দেখা দেয়, অ—তা তখনও ভালো করে জানতে পারেননি।
এইবার ঠাকুর গাড়িতে উঠলেন। যুবক ভক্ত লাটু, যিনি এখন স্বামী অদ্ভুতানন্দ নামে সকলের পরিচিত, ঠাকুরের বেটুয়া, গামছা প্রভৃতি দরকারি জিনিস সঙ্গে নিয়ে ঠাকুরের পিছন পিছন গিয়ে গাড়িতে উঠলেন; আমাদের বন্ধু অ-ও উঠলেন; গাড়ির একদিকে ঠাকুর বসলেন এবং অন্যদিকে লাটু মহারাজ ও অ—বসলেন। গাড়ি ছাড়ল এবং ক্রমে বরাহনগরের বাজার ছাড়িয়ে মতিঝিলের পাশ দিয়ে যেতে লাগল। পথে বিশেষ কোনো ঘটনাই ঘটল না। ঠাকুর রাস্তায় এটা ওটা দেখে কখনও কখনও বালকের মতো লাটু বা অ-কে জিজ্ঞাসা করতে লাগলেন; অথবা এ কথা সে কথা তুলে সাধারণ সহজ অবস্থায় যেমন হাসি-পরিহাস করতেন, তেমনই করতে করতে চললেন।
মতিঝিলের দক্ষিণে একটি সামান্য বাজার গোছ ছিল; তার দক্ষিণে একখানি মদের দোকান, একটি ডাক্তারখানা এবং কয়েকখানি খোলার ঘরে চালের আড়ত, ঘোড়ার আস্তাবল ইত্যাদি ছিল। সেগুলির দক্ষিণেই এখানকার প্রাচীন সুপ্রসিদ্ধ দেবীস্থান ৺সর্বমঙ্গলা ও ৺চিত্রেশ্বরী দেবীর মন্দিরে যাওয়ার প্রশস্ত পথ ভাগীরথীতীর পর্যন্ত চলে গিয়েছে। সেই পথটিকে ডান দিকে রেখে কলিকাতার দিকে এগোতে হয়।
মদের দোকানে অনেকগুলি মাতাল তখন বসে সুরাপান করছিল, আর গোলমাল ও হাসি-পরিহাস চলছিল। তাদের কেউ কেউ আবার আনন্দে গান ধরেছিল; আবার কেউ কেউ অঙ্গভঙ্গি করে নাচেও মেতে ছিল। আর দোকানের মালিক চাকরকে তাদের কাছে মদ বিক্রি করতে লাগিয়ে নিজে দোকানের দরজায় আনমনে দাঁড়িয়ে ছিল। তার কপালে বড় এক সিঁদুরের ফোঁটাও ছিল। এমন সময় ঠাকুরের গাড়ি দোকানের সামনে দিয়ে যেতে লাগল। দোকানি বোধ হয় ঠাকুরের কথা জানত; কারণ, ঠাকুরকে দেখতে পেয়েই হাত তুলে প্রণাম করল।
গোলমালে ঠাকুরের মন দোকানের দিকে আকৃষ্ট হল এবং মাতালদের ওইরকম আনন্দ-প্রকাশ তাঁর চোখে পড়ল। কারণানন্দ দেখেই অমনি ঠাকুরের মনে জগৎকারণের আনন্দস্বরূপের উদ্দীপনা! —খালি উদ্দীপনা নয়, সেই অবস্থার অনুভূতি আসতেই ঠাকুর একেবারে নেশায় বিভোর, কথা জড়িয়ে যাচ্ছে। আবার শুধু তা-ই নয়, হঠাৎ শরীরের খানিকটা বের করে ডান পা গাড়ির পাদানিতে রেখে দাঁড়িয়ে উঠলেন এবং মাতালের মতো তাদের আনন্দে আনন্দ প্রকাশ করতে করতে হাত নেড়ে অঙ্গভঙ্গি করে উচ্চস্বরে বলতে লাগলেন—“বেশ হচ্চে, খুব হচ্চে, বা, বা, বা।”
অ— বলেন, “ঠাকুরের যে সহসা অমন ভাব হবে, এর কোনো আভাসই আগে আমরা পাইনি; বেশ সহজ মানুষের মতোই কথাবার্তা বলছিলেন। মাতাল দেখেই একেবারে হঠাৎ ওইরকম অবস্থা! আমি তো ভয়ে আড়ষ্ট; তাড়াতাড়ি শশব্যস্তে তাঁর শরীরটা ধরে গাড়ির ভিতর টেনে এনে তাঁকে বসাব ভেবে হাত বাড়িয়েছি, এমন সময় লাটু বাধা দিয়ে বলল, ‘কিছু করতে হবে না, উনি আপনা হতেই সামলাবেন, পড়ে যাবেন না।’ কাজেই চুপ করলাম, কিন্তু বুকটা ঢিপ ঢিপ করতে লাগল; আর ভাবলাম, এ পাগলা ঠাকুরের সঙ্গে এক গাড়িতে এসে কী অন্যায় কাজই করেছি! আর কখনও আসব না। অবশ্য এত কথা বলতে যে সময় লাগল, তার চেয়ে ঢের অল্প সময়ের ভিতরই ওই সব ঘটনা ঘটল এবং গাড়িও সেই দোকান ছাড়িয়ে চলে এল। তখন ঠাকুরও আগের মতো গাড়ির ভিতরে স্থির হয়ে বসলেন এবং ৺সর্বমঙ্গলাদেবীর মন্দির দেখতে পেয়ে বললেন, ‘ঐ সর্বমঙ্গলা বড় জাগ্রত ঠাকুর, প্রণাম কর।’ এই বলে স্বয়ং প্রণাম করলেন, আমরাও তাঁর দেখাদেখি দেবীর উদ্দেশে প্রণাম করলাম। প্রণাম করে ঠাকুরের দিকে তাকিয়ে দেখলাম—যেমন ছিলেন তেমনি, বেশ প্রকৃতিস্থ। মৃদু মৃদু হাসছেন। আমার কিন্তু ‘এখনই পড়ে গিয়ে একটা খুনোখুনি ব্যাপার হয়েছিল আর কি’—ভেবে সে বুক-ঢিপঢিপানি অনেকক্ষণ থামল না!
“তারপর গাড়ি বাড়ির দুয়ারে এসে লাগলে, আমাকে বললেন, ‘গি—বাড়িতে আছে কি? দেখে এস দেখি।’ আমিও জেনে এসে বললাম, ‘না’। তখন বললেন, ‘তাই তো গি-র সঙ্গে দেখা হলো না, ভেবেছিলাম, তাকে আজকের বেশি ভাড়াটা দিতে বলব। তা তোমার সঙ্গে তো এখন জানাশুনা হয়েছে, বাবু, তুমি একটা টাকা দেবে? কী জান, যদু মল্লিক কৃপণ লোক; সে সেই বরাদ্দ দু টাকা চার আনার বেশি গাড়িভাড়া কখনো দেবে না। আমার কিন্তু বাবু একে ওকে দেখে ফিরতে কত রাত হবে তা কে জানে? বেশি দেরি হলেই আবার গাড়োয়ান ‘চল, চল’ করে দিক্ করে। তাই বেণীর সঙ্গে বন্দোবস্ত হয়েছে, ফিরতে যত রাতই হোক না কেন, তিন টাকা চার আনা দিলেই গাড়োয়ান আর গোল করবে না। যদু দুই টাকা চার আনা দেবে, আর তুমি একটা টাকা দিলেই আজকের ভাড়ার আর কোন গোল রইল না; এই জন্যে বলছি।’ আমি ওই সব শুনে একটা টাকা লাটুর হাতে দিলাম এবং ঠাকুরকে প্রণাম করলাম। ঠাকুরও যদু মল্লিককে দেখতে গেলেন।”
ঠাকুরের এই বাহ্যদৃষ্টিতে মাতালের মতো অবস্থা রোজই যখন-তখন দেখা দিত। তার কয়টা কথাই বা আমরা লিপিবদ্ধ করে পাঠককে বলতে পারি।
দক্ষিণেশ্বরে আগত সকল সম্প্রদায়ের সাধুদেরই ঠাকুরের কাছে ধর্মবিষয়ে সহায়তা-লাভ
রাসমণির কালীবাড়িতে ওইভাবে যত সাধু সাধক আসতেন, তাঁদের কথা ঠাকুর এভাবে অনেক সময় অনেকের কাছেই গল্প করতেন; শুধু যে আমাদের কাছেই করেছিলেন তা নয়। এসব বিষয়ে সাক্ষ্য দেওয়ার মতো অনেক লোক এখনও জীবিত। আমরা তখন সেন্ট্ জেভিয়ার কলেজে পড়ি। সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার দুই দিন কলেজ বন্ধ থাকত। শনি ও রবিবারে ঠাকুরের কাছে অনেক ভক্তের ভিড় হত বলে আমরা বৃহস্পতিবারেও তাঁর কাছে যেতাম এবং এতে তাঁর জীবনের নানা কথা তাঁর শ্রীমুখ থেকে শোনার বেশ সুবিধা হত। সেসব কথা শুনে আমরা বেশ বুঝতে পেরেছি যে, ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরী স্বামীজী, মুসলমান গোবিন্দ—যিনি কৈবর্তজাতীয় ছিলেন[5], পূর্ণ নির্বিকল্প ভূমিতে ছয় মাস থাকার সময় জোর করে খাইয়ে ঠাকুরের শরীর রক্ষা করার জন্য যে সাধুটি দৈবপ্রেরিত হয়ে কালীবাড়িতে আসেন তিনি, এবং এমন আরও দু-একজন ছাড়া, আমরা ঠাকুরের কাছে যাওয়ার আগে নানা সম্প্রদায়ের আর যত সাধু-সাধক দক্ষিণেশ্বরে এসেছিলেন, তাঁদের প্রত্যেকেই ঠাকুরের অদ্ভুত অলৌকিক জীবনালোকের সাহায্যে নিজ নিজ ধর্মজীবনে নবপ্রাণ-সঞ্চার লাভের জন্যই এসেছিলেন, এবং তা লাভ করে স্বয়ং কৃতার্থ হয়ে নিজ নিজ সম্প্রদায়ভুক্ত যথার্থ ধর্মপিপাসু সাধকদের সেই পথ দিয়ে কেমন করে ঈশ্বরলাভ করতে হবে, তা-ই দেখানোর সুযোগ পেয়েছিলেন। তাঁরা শিখতেই এসেছিলেন এবং শিক্ষা পূর্ণ করে যে যাঁর জায়গায় চলে গিয়েছিলেন। ভৈরবী ব্রাহ্মণী এবং তোতাপুরী প্রভৃতিও বহু ভাগ্যে ঠাকুরের ধর্মজীবনের সহায়ক হয়ে এলেও, এতকাল ধরে সাধনা করেও নিজ নিজ ধর্মজীবনে যেসব নিগূঢ় আধ্যাত্মিক সত্য উপলব্ধি করতে পারছিলেন না, ঠাকুরের অলৌকিক জীবন ও শক্তিবলে সেসব সত্য প্রত্যক্ষ করে ধন্য হয়ে গিয়েছিলেন।
ঠাকুর যে ধর্মমতে যখন সিদ্ধিলাভ করতেন তখন সেই সম্প্রদায়ের সাধুরাই তাঁর কাছে আসত
আবার এই সব সাধু ও সাধকের দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আগমনের ক্রম বা পারম্পর্য আলোচনা করলে আর একটি বিশেষ সত্য উপলব্ধি করতে বিলম্ব হয় না। তাঁদের এই আগমনক্রমের কথা আলোচনা করার সুবিধা হবে বলেই আমরা বর্তমান প্রবন্ধে, ঠাকুরের শ্রীমুখে যেমন শুনেছিলাম সেইভাবে, যতদূর সম্ভব তাঁর নিজের ভাষায়, তিনি যেমন করে এসব কথা আমাদের বলেছিলেন তেমন করেই পাঠককে বলার প্রয়াস পেয়েছি। ঠাকুরের শ্রীমুখে যা শুনেছি, তাতে বোঝা যায় যে, তিনি এক এক ভাবের উপাসনা ও সাধনায় লেগে ঈশ্বরের যখন যে ভাবের প্রত্যক্ষ উপলব্ধি করতেন, অমনি সেই সম্প্রদায়ের যথার্থ সাধকেরা দলে দলে কিছুকাল ধরে তাঁর কাছে আসতেন এবং তখন তাঁদের সঙ্গে ঠাকুরের সেই ভাবের আলোচনায় দিনরাত কেটে যেত। রামমন্ত্রের উপাসনায় যেই সিদ্ধিলাভ করলেন, অমনি দলে দলে রামাইৎ সাধুরা তাঁর কাছে আসতে লাগলেন। গৌড়ীয় বৈষ্ণবতন্ত্রোক্ত শান্ত দাস্যাদি এক-একটি ভাবে যেই সিদ্ধিলাভ করলেন, অমনি সেই সেই ভাবের সাধকেরা আসতে লাগলেন। ভৈরবী ব্রাহ্মণীর সাহায্যে চৌষট্টিখানা তন্ত্রোক্ত সব সাধন যখন সাঙ্গ করে ফেললেন বা শক্তিসাধনায় সিদ্ধিলাভ করলেন, অমনি সে সময়ের এ অঞ্চলের যাবতীয় বিশিষ্ট তান্ত্রিক সাধক তাঁর কাছে আসতে লাগলেন। পুরী গোস্বামীর সাহায্যে অদ্বৈতমতের ব্রহ্মোপাসনা ও উপলব্ধিতে যেই সিদ্ধিলাভ করলেন, অমনি পরমহংস সম্প্রদায়ের বিশিষ্ট সাধকেরা তাঁর সমীপে দলে দলে আসতে লাগলেন।
সকল অবতারপুরুষের সমান শক্তি-প্রকাশ দেখা যায় না, কারণ তাঁদের কেউ বা জাতিবিশেষকে ও কেউ বা সমগ্র মানবজাতিকে ধর্মদান করতে আসেন
ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের সাধককুল এভাবে সেই সেই সময়ে ঠাকুরের দেবসঙ্গ লাভ করেছিলেন, এর যে একটা বিশেষ গূঢ় অর্থ আছে তা বালকেরও বুঝতে দেরি হবে না। যুগাবতারের শুভাগমনে জগতে সর্বকালেই এমন হয়ে এসেছে এবং পরেও হবে। তাঁরা আধ্যাত্মিক জগতের গূঢ় নিয়মানুসারে ধর্মের গ্লানি দূর করার জন্য বা নির্বাপিতপ্রায় ধর্মালোককে পুনরুজ্জীবিত করার জন্য সর্বকালে জন্মগ্রহণ করেন। তবে তাঁদের জীবনালোচনায় তাঁদের ভিতরে শক্তিপ্রকাশের কমবেশি তারতম্য দেখে এটা স্পষ্ট বোঝা যায় যে, তাঁদের কেউ বা কোনো প্রদেশ-বিশেষের বা দু-চারটি সম্প্রদায়-বিশেষের অভাবমোচনের জন্য এসেছেন; আবার কেউ বা সমগ্র পৃথিবীর ধর্মাভাব-মোচনের জন্য শুভাগমন করেছেন। কিন্তু দেখা যায়, সর্বত্রই তাঁরা তাঁদের পূর্ববর্তী ঋষি, আচার্য ও অবতারকুলের আবিষ্কৃত ও প্রচারিত আধ্যাত্মিক মতগুলির মর্যাদা সম্যক রক্ষা করে, সেগুলিকে বজায় রেখে, নিজ নিজ আবিষ্কৃত উপলব্ধি ও মত প্রচার করেছেন। কারণ তাঁরা তাঁদের দিব্যযোগশক্তিবলে পূর্ব পূর্ব কালের আধ্যাত্মিক মতগুলির ভিতর একটা পারম্পর্য ও সম্বন্ধ দেখতে পান। আমাদের বিষয়-মলিন দৃষ্টির সামনে ভাবরাজ্যের সে ইতিহাস, সে সম্বন্ধ সর্বদা অপ্রকাশিতই থাকে। তাঁরা পূর্ব পূর্ব ধর্মমতগুলিকে ‘সূত্রে মণিগণা ইব’ এক সূত্রে গাঁথা দেখতে পান এবং নিজ নিজ ধর্মোপলব্ধির সাহায্যে সেই মালার অঙ্গই সম্পূর্ণ করে যান।
হিন্দু, ইহুদি, ক্রিশ্চান ও মুসলমান ধর্মপ্রবর্তক অবতারপুরুষদের আধ্যাত্মিক শক্তি-প্রকাশের সঙ্গে ঠাকুরের এ বিষয়ে তুলনা
বৈদেশিক ধর্মমতগুলির আলোচনায় এ বিষয়টি আমরা বেশ স্পষ্ট বুঝতে পারব। দেখো, ইহুদি আচার্যেরা যেসব ধর্মবিষয়ক সত্য প্রচার করে গিয়েছিলেন, ঈশা এসে সেসব বজায় রেখে নিজের উপলব্ধ সত্যগুলি প্রচার করলেন। আবার কয়েক শতাব্দী পরে মহম্মদ এসে ঈশা-প্রচারিত মতগুলি বজায় রেখে নিজের মত প্রচার করলেন। এতে এমন বোঝায় না যে, ইহুদি আচার্যদের প্রচারিত বা ঈশা-প্রচারিত মত অসম্পূর্ণ; বা সেই সব মত অবলম্বন করে চলে তাঁরা প্রত্যেকে ঈশ্বরের যে ভাব উপলব্ধি করেছিলেন, তা করা যায় না। তা নিশ্চয়ই করা যায়; আবার মহম্মদ-প্রচারিত মত অবলম্বন করে চলে তিনি যে ভাবে ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন, তা-ও করা যায়। আধ্যাত্মিক জগতের সর্বত্র এটাই নিয়ম। ভারতীয় ধর্মমতগুলির মধ্যেও সেইরকমই বুঝতে হবে। ভারতের বৈদিক ঋষি, পুরাণকার এবং তন্ত্রকার আচার্য মহাপুরুষেরা যেসব মত প্রচার করে গিয়েছেন, সেগুলির যেটিই ঠিক ঠিক অবলম্বন করে তুমি চলবে, সেই পথ দিয়েই ঈশ্বরের সেই ভাব উপলব্ধি করতে পারবে। ঠাকুর একাদিক্রমে সকল সম্প্রদায়োক্ত মতে সাধনায় লেগে তা-ই উপলব্ধি করেছিলেন এবং তা-ই আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন।
ঠাকুরের কাছে সকল সম্প্রদায়ের সাধু-সাধকদের আগমনের কারণ
ফুল ফুটলেই ভ্রমর এসে জোটে—আধ্যাত্মিক জগতেও যে এটাই নিয়ম, ঠাকুর সে কথা আমাদের বারংবার বলে গিয়েছেন। সেই নিয়মেই, অবতার মহাপুরুষদের জীবনে যখন সিদ্ধিলাভ বা আধ্যাত্মিক জগতের সত্যোপলব্ধি হয়, অমনি তা জানার, শেখার জন্য ধর্মপিপাসুরা তাঁদের দিকে আকৃষ্ট হন—এটা সর্বত্র দেখতে পাওয়া যায়। ঠাকুরের কাছে যে একই সম্প্রদায়ের সাধককুল না এসে সকল সম্প্রদায়ের সাধকেরাই দলে দলে এসেছিলেন, তার কারণ—তিনি সেই সব পথ দিয়েই অগ্রসর হয়ে সেই সেই ঈশ্বরীয় ভাবের সম্যক উপলব্ধি করেছিলেন এবং সেসব পথের সংবাদ বিশেষভাবে বলতে পারতেন। তবে সেই সাধকদের সকলেই যে নিজ নিজ মতে সিদ্ধ হয়েছিলেন এবং ঠাকুরকে যুগাবতার বলে ধরতে পেরেছিলেন, তা নয়; তাঁদের ভিতর যাঁরা বিশিষ্ট তাঁরাই তা করতে পেরেছিলেন। কিন্তু প্রত্যেকেই ঠাকুরের দিব্যসঙ্গগুণে নিজ নিজ পথে আরও অগ্রসর হয়েছিলেন এবং সেই পথ দিয়ে চললে কালক্রমে যে নিশ্চয় ঈশ্বরকে লাভ করবেন, তা ধ্রুব সত্যরূপে বুঝতে পেরেছিলেন। নিজ নিজ পথের উপর এমন বিশ্বাসের হানি হওয়ার ফলেই যে ধর্মগ্লানি দেখা দেয় এবং সাধক নিজের জীবনে ধর্মোপলব্ধি করতে পারে না, তা আর বলতে হবে না।
দক্ষিণেশ্বরে আগত সাধুদের সঙ্গলাভেই ঠাকুরের ভিতর ধর্ম-প্রবৃত্তি জেগে ওঠে—এ কথা সত্য নয়
আজকাল একটা কথা উঠেছে যে, ঠাকুর ওই সব সাধুর কাছ থেকেই ঈশ্বর-সাধনার উপায়গুলি জেনে নিয়ে স্বয়ং উগ্র তপস্যা শুরু করেন এবং তপস্যার কঠোরতায় এক সময়ে সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছিলেন। তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছিল এবং কোনোরকম ভাবের আতিশয্যে বাহ্যজ্ঞান লুপ্ত হওয়ার একটা শারীরিক রোগও চিরকালের মতো তাঁর শরীরে বদ্ধমূল হয়ে গিয়েছিল। হে ভগবান, এমন পণ্ডিত-মূর্খের দলও আমরা! পূর্ণ চিত্তৈকাগ্রতার সাহায্যে সমাধি-ভূমিতে আরোহণ করলেই যে সাধারণ বাহ্যচৈতন্যের লোপ হয়, এ কথা ভারতের ঋষিকুল বেদ, পুরাণ, তন্ত্রাদির সাহায্যে আমাদের যুগে যুগে বুঝিয়ে এলেন ও নিজ নিজ জীবনে তা দেখিয়ে গেলেন, সমাধি-শাস্ত্রের পূর্ণ ব্যাখ্যা—যা পৃথিবীর কোনো দেশে কোনো জাতির ভিতরেই বিদ্যমান নেই—আমাদের জন্য রেখে গেলেন; সংসারে এ পর্যন্ত যত মহাপুরুষ অবতার বলে সর্বদেশে মানব-হৃদয়ের শ্রদ্ধা পাচ্ছেন, তাঁরাও নিজ নিজ জীবনে প্রত্যক্ষ করে এই বাহ্যজ্ঞানলোপটা যে আধ্যাত্মিক উন্নতির সঙ্গে অবশ্যম্ভাবী, সে কথা আমাদের ভূয়োভূয়ঃ বুঝিয়ে গেলেন, তথাপি যদি আমরা ওই কথা বলি এবং ওরকম কথা শুনি, তবে আর আমাদের দশা কী হবে? হে পাঠক, ভালো বোঝ তো তুমি ওই সব অন্তঃসারশূন্য কথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করো; তোমার এবং যাঁরা ওরকম বলেন তাঁদের মঙ্গল হোক! আমাদের কিন্তু এ অদ্ভুত দিব্য পাগলের পদপ্রান্তে পড়ে থাকার স্বাধীনতাটুকু কৃপা করে দিয়ো, এই-ই তোমার কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ বা ভিক্ষা। কিন্তু যা হয় একটা স্থিরনিশ্চয় করার আগে ভালো করে আর একবার বুঝে দেখো; প্রাচীন উপনিষদকার যেমন বলেছেন, তেমন অবস্থা যেন তোমার না হয়! –
অবিদ্যায়ামন্তরে বর্তমানাঃ স্বয়ং ধীরাঃ পণ্ডিতম্মন্যমানাঃ।
দন্দ্রম্যমাণাঃ পরিয়ন্তি মূঢ়া অন্ধেনৈব নীয়মানা যথান্ধাঃ॥
ঠাকুরের ভাবসমাধিগুলিকে রোগবিশেষ বলাটা আজ নতুন কিছু নয়! তাঁর জীবদ্দশায়, পাশ্চাত্যভাবে শিক্ষিত অনেকে ও কথা বলতেন। পরে যত দিন যেতে লাগল, এবং এ দিব্য পাগলের ভবিষ্যদ্বাণীরূপে উচ্চারিত পাগলামিগুলি যতই পূর্ণ হতে লাগল এবং তাঁর অদৃষ্টপূর্ব ভাবগুলি পৃথিবীময় সাধারণ মানুষ যতই সাগ্রহে গ্রহণ করতে লাগল, ততই ও কথাটার আর জোর রইল না। চন্দ্রে ধূলিনিক্ষেপের যে ফল হয়, তা-ই হল এবং লোকে ওই সব ভ্রান্ত উক্তির সম্যক পরিচয় পেয়ে ঠাকুরের কথাই সত্য জেনে স্থির হয়ে রইল। এখনও তা-ই হবে। কারণ আগুনের মতো সত্যকেও কখনও কাপড়ে ঢেকে রাখা যায় না। অতএব এ বিষয়ে আমাদের আর বোঝানোর প্রয়াসের দরকার নেই। ঠাকুর নিজেই এ সম্বন্ধে যে দু-একটি কথা বলতেন, তা-ই বলে ক্ষান্ত হব।
ঠাকুরের সমাধিতে বাহ্যজ্ঞানলোপ হওয়াটা ব্যাধি নয়; প্রমাণ—ঠাকুর ও শিবনাথ-সংবাদ
সাধারণ ব্রাহ্মসমাজের অন্যতম আচার্য, শ্রদ্ধাস্পদ শিবনাথ শাস্ত্রী মহাশয় ঠাকুরের ভাবসমাধিটাকে স্নায়ুবিকার-প্রসূত রোগ-বিশেষ (hysteria or epileptic fits) বলে তখন থেকেই আমাদের কারও কারও কাছে উল্লেখ করতেন এবং সেই সঙ্গে এমন মতও প্রকাশ করতেন যে, ওই রোগগ্রস্ত হয়ে সাধারণ মানুষ যেমন অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে, ওই সময়ে ঠাকুরও তেমনই হয়ে যান! ঠাকুরের কানে ক্রমে সে কথা ওঠে। শাস্ত্রী মহাশয় বহু আগে থেকে ঠাকুরের কাছে মধ্যে মধ্যে যাতায়াত করতেন। একদিন তিনি যখন দক্ষিণেশ্বরে উপস্থিত আছেন, তখন ঠাকুর সে কথা তুলে শাস্ত্রী মহাশয়কে বললেন, “হ্যাঁ শিবনাথ, তুমি নাকি এগুলোকে রোগ বল? আর বল যে ঐ সময় অচৈতন্য হয়ে যাই? তোমরা ইট, কাঠ, মাটি, টাকাকড়ি এই সব জড় জিনিসগুলোতে দিনরাত মন রেখে ঠিক থাকলে, আর যাঁর চৈতন্যে জগৎ-সংসারটা চৈতন্যময় হয়ে রয়েছে, তাঁকে দিনরাত ভেবে আমি অজ্ঞান অচৈতন্য হলুম! এ কোনদিশি বুদ্ধি তোমার?” শিবনাথবাবু নিরুত্তর হয়ে রইলেন।
সাধনকালে ঠাকুরের উন্মত্তবৎ আচরণের কারণ
ঠাকুর ‘দিব্যোন্মাদ’, ‘জ্ঞানোন্মাদ’ প্রভৃতি কথা আমাদের কাছে নিত্য প্রয়োগ করতেন এবং মুক্তকণ্ঠে সকলের কাছে বলতেন যে, তাঁর জীবনে বারো বছর ধরে ঈশ্বরানুরাগের একটা প্রবল ঝটিকা বয়ে গিয়েছে। বলতেন, “ঝড়ে ধুলো উড়ে যেমন সব একাকার দেখায়—এটা আমগাছ, ওটা কাঁঠালগাছ বলে বুঝা দূরে থাক, দেখাও যায় না, সেই-রকমটা হয়েছিল রে; ভাল-মন্দ, নিন্দা-স্তুতি, শৌচ-অশৌচ এ-সকলের কোনটাই বুঝতে দেয়নি! কেবল এক চিন্তা, এক ভাব—কেমন করে তাঁকে পাব, এইটেই মনে সদা-সর্বক্ষণ থাকত! লোকে বলত—পাগল হয়েছে!” যাক এখন সে কথা, আমরা আগের কথায় ফিরে যাই।
দক্ষিণেশ্বরে আগত সাধকদের মধ্যে কেউ কেউ ঠাকুরের কাছে দীক্ষাও গ্রহণ করেন; যেমন—নারায়ণ শাস্ত্রী
দক্ষিণেশ্বরে সেই সময়ে যেসব সাধক পণ্ডিত ঠাকুরের কাছে এসেছিলেন, তাঁদের ভিতর কেউ কেউ আবার ভক্তির আতিশয্যে ঠাকুরের কাছ থেকে দীক্ষা এবং সন্ন্যাস পর্যন্ত নিয়ে চলে গিয়েছিলেন। পণ্ডিত নারায়ণ শাস্ত্রী তাঁদেরই অন্যতম। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, নারায়ণ শাস্ত্রী প্রাচীন যুগের নিষ্ঠাবান ব্রহ্মচারীদের মতো গুরুগৃহে থেকে একাদিক্রমে পঁচিশ বছর স্বাধ্যায় বা নানা শাস্ত্র পাঠ করেছিলেন। শুনেছি, ষড়দর্শনের সবগুলিতেই সমান অভিজ্ঞতা ও আধিপত্য লাভ করার প্রবল বাসনা বরাবর তাঁর প্রাণে ছিল। উত্তর-পশ্চিমাঞ্চলের কাশী প্রভৃতি নানা স্থানে নানা গুরুগৃহে বাস করে পাঁচটি দর্শন তিনি সম্পূর্ণ আয়ত্ত করেছিলেন। কিন্তু বঙ্গদেশের নবদ্বীপের সুপ্রসিদ্ধ নৈয়ায়িকদের অধীনে ন্যায়দর্শনের পাঠ সাঙ্গ না করলে ন্যায়দর্শনে পূর্ণ আধিপত্য লাভ করে প্রসিদ্ধ নৈয়ায়িকদের মধ্যে পরিগণিত হওয়া অসম্ভব, এজন্য দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসার প্রায় আট বছর আগে এ দেশে আসেন এবং সাত বছর ধরে নবদ্বীপে থেকে ন্যায়ের পাঠ সাঙ্গ করেন। এইবার দেশে ফিরে যাবেন। আবার এদিকে কখনও আসবেন কি না সন্দেহ, এইজন্যই বোধ হয় কলিকাতা এবং তার কাছের দক্ষিণেশ্বর দেখতে এসে ঠাকুরের দর্শন লাভ করেন।
শাস্ত্রীজীর পূর্বকথা
বঙ্গদেশে ন্যায় পড়তে আসার আগেই শাস্ত্রীজীর দেশে পণ্ডিত বলে খ্যাতি হয়েছিল। ঠাকুরের কাছেই শুনেছি, এক সময়ে জয়পুরের মহারাজ শাস্ত্রীজীর নাম শুনে সভাপণ্ডিত করে রাখবেন বলে উচ্চহারে বেতন ঠিক করে তাঁকে সাদরে আহ্বান করেছিলেন। কিন্তু শাস্ত্রীজীর তখনও জ্ঞানার্জনের স্পৃহা কমেনি এবং ষড়দর্শন আয়ত্ত করার প্রবল আগ্রহও মেটেনি। কাজেই তিনি মহারাজের সাদর আহ্বান প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিলেন। শাস্ত্রীর পূর্বনিবাস রাজপুতানা অঞ্চলের কাছে বলেই আমাদের অনুমান।
সেই পাঠসাঙ্গ ও ঠাকুরের দর্শনলাভ
এদিকে আবার নারায়ণ শাস্ত্রী সাধারণ পণ্ডিতদের মতো ছিলেন না। শাস্ত্রজ্ঞানের সঙ্গে সঙ্গে তাঁর মনে অল্পে অল্পে বৈরাগ্যের উদয় হচ্ছিল। কেবল পাঠ করেই যে বেদান্তাদি শাস্ত্রে কারও দখল জন্মাতে পারে না, শাস্ত্র যে সাধনার জিনিস, তা তিনি বেশ বুঝতে পেরেছিলেন এবং সেজন্য পাঠ সাঙ্গ করার আগেই মধ্যে মধ্যে এক একবার তাঁর মনে হত—এভাবে তো ঠিক ঠিক জ্ঞানলাভ হচ্ছে না, কিছুদিন সাধনাদি করে শাস্ত্রে যা বলেছে, তা প্রত্যক্ষ করার চেষ্টা করব। আবার একটা বিষয় আয়ত্ত করতে বসেছেন, সেটাকে অর্ধপথে ছেড়ে সাধনাদি করতে গেলে পাছে এদিক ওদিক দুই দিক যায়, সেজন্য সাধনায় লাগার বাসনাটা চেপে আবার পাঠেই মনোনিবেশ করতেন। এইবার তাঁর এতকালের বাসনা পূর্ণ হয়েছে, ষড়দর্শনে অভিজ্ঞতা লাভ করেছেন; এখন দেশে ফেরার বাসনা। সেখানে ফিরে যা হয় একটা করবেন, এই কথা মনে স্থির করে রেখেছেন। এমন সময় ঠাকুরের সঙ্গে তাঁর দেখা হল এবং দেখেই কী জানি কেন তাঁকে ভালো লাগল।
আগেই বলেছি, দক্ষিণেশ্বর কালীবাড়িতে তখন অতিথি, ফকির, সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ পণ্ডিতদের থাকার এবং খাওয়ার বেশ সুবন্দোবস্ত ছিল। শাস্ত্রীজী একে ভিন্ন প্রদেশের ব্রহ্মচারী ব্রাহ্মণ, তার উপর আবার সুপণ্ডিত, কাজেই তাঁকে যে ওখানে সসম্মানে তাঁর যতদিন ইচ্ছা থাকতে দেওয়া হবে, এতে বিচিত্র কিছুই নেই। খাওয়াদাওয়া ও অন্য সব বিষয়ে অনুকূল এমন রমণীয় স্থানে এমন দেবমানবের সঙ্গ! —শাস্ত্রীজী কিছুকাল এখানে কাটিয়ে যাবেন ঠিক করলেন। আর না করেই বা করেন কী? ঠাকুরের সঙ্গে যতই পরিচয় হতে লাগল, ততই তাঁর প্রতি শাস্ত্রীর কেমন একটা ভক্তি-ভালোবাসার উদয় হতে থাকল এবং তাঁকে আরও বিশেষভাবে দেখার, জানার ইচ্ছা দিন দিন প্রবল হতে লাগল। ঠাকুরও সরলহৃদয় উন্নতচেতা শাস্ত্রীকে পেয়ে বিশেষ আনন্দ প্রকাশ করতে এবং অনেক সময় তাঁর সঙ্গে ঈশ্বরীয় কথায় কাটাতে লাগলেন।
ঠাকুরের দিব্যসঙ্গে শাস্ত্রীর সংকল্প
শাস্ত্রীজী বেদান্তোক্ত সপ্তভূমিকার কথা পড়েছিলেন। শাস্ত্র পড়ে জানতেন, একটির পর একটি করে নিম্ন থেকে উচ্চ, উচ্চতর ভূমিকায় মন যত উঠতে থাকে, ততই বিচিত্র বিচিত্র উপলব্ধি ও দর্শন হতে হতে শেষে নির্বিকল্পসমাধি এসে উপস্থিত হয় এবং সেই অবস্থায় অখণ্ড সচ্চিদানন্দস্বরূপ ব্রহ্মবস্তুর সাক্ষাৎ উপলব্ধিতে তন্ময় হলে মানবের যুগযুগান্তরাগত সংসারভ্রম একেবারে তিরোহিত হয়ে যায়। শাস্ত্রী দেখলেন, তিনি যেসব কথা শাস্ত্রে পড়ে কণ্ঠস্থ করেছেন মাত্র, ঠাকুর সেসব জীবনে সাক্ষাৎ প্রত্যক্ষ করেছেন। দেখলেন—‘সমাধি’, ‘অপরোক্ষানুভূতি’ প্রভৃতি কথা তিনি শুধু উচ্চারণই করেন, আর ঠাকুরের সেই সমাধি দিনরাত যখন-তখন ঈশ্বরীয় প্রসঙ্গে হচ্ছে! শাস্ত্রী ভাবলেন, ‘এ কী অদ্ভুত ব্যাপার! শাস্ত্রের নিগূঢ় অর্থ জানাবার, বোঝাবার এমন লোক আর কোথায় পাব? এ সুযোগ ছাড়লে চলবে না। যেভাবে হোক এঁর কাছ থেকে ব্রহ্মসাক্ষাৎকারলাভের উপায় করতে হবে। মরণের তো ঠিক নেই—কে জানে কবে এ শরীর যাবে। ঠিক ঠিক জ্ঞানলাভ না করে মরব? তা হবে না। একবার তা লাভ করার চেষ্টাও অন্তত করতে হবে। রইল এখন দেশে ফেরা।’
শাস্ত্রীর বৈরাগ্যোদয়
দিনের পর দিন যতই যেতে লাগল, ঠাকুরের দিব্য সঙ্গে শাস্ত্রীর বৈরাগ্যব্যাকুলতাও ততই বেড়ে উঠতে লাগল। পাণ্ডিত্যে সকলকে চমৎকৃত করব, মহামহোপাধ্যায় হয়ে সংসারে সবচেয়ে বেশি নাম যশ প্রতিষ্ঠা লাভ করব—এসব বাসনা তুচ্ছ হেয় বলে বোধ হল এবং মন থেকে একেবারে অন্তর্হিত হয়ে গেল। শাস্ত্রী যথার্থ দীনভাবে শিষ্যের মতো ঠাকুরের কাছে থাকেন এবং তাঁর অমৃতময়ী বাক্যাবলি একচিত্তে শুনে ভাবেন—আর অন্য কোনো বিষয়ে মন দেওয়া হবে না। কবে কখন শরীরটা যাবে তার স্থিরতা নেই; এই বেলা সময় থাকতে থাকতে ঈশ্বরলাভের চেষ্টা করতে হবে। ঠাকুরকে দেখে ভাবেন—“আহা, ইনি মনুষ্যজন্ম লাভ করে যা জানার, বোঝার, তা বুঝে কেমন নিশ্চিন্ত হয়ে রয়েছেন! —মৃত্যুও এঁর কাছে পরাজিত; ‘মহারাত্রি’র করাল ছায়া সামনে ধরে সাধারণ মানুষকে যেমন দেখায়, এঁকে তেমন আর অকূল পাথার দেখাতে পারে না! আচ্ছা, উপনিষদকার তো বলেছেন এমন মহাপুরুষ সিদ্ধ-সংকল্প হন; এঁদের ঠিক ঠিক কৃপা লাভ করতে পারলে মানবের সংসার-বাসনা মিটে গিয়ে ব্রহ্মজ্ঞানের উদয় হয়। তবে এঁকেই কেন ধরি না; এঁরই কেন শরণ গ্রহণ করি না?” দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থেকে শাস্ত্রী মনে মনে এমন নানাবিধ জল্পনা করেন। কিন্তু পাছে ঠাকুর অযোগ্য ভেবে আশ্রয় না দেন, তাই সহজে তাঁকে কিছু বলতে পারেন না। এভাবে দিন কাটতে লাগল।
শাস্ত্রীর মাইকেল মধুসূদনের সঙ্গে আলাপে বিরক্তি
শাস্ত্রীর মনে সংসার-বৈরাগ্য যে দিন দিন তীব্র হয়ে উঠছিল, তার পরিচয় আমরা নিচের ঘটনাটি থেকে বেশ পাই। এই সময়ে রাসমণির তরফ থেকে কী একটি মোকদ্দমা চালানোর ভার বঙ্গের কবিকুলগৌরব শ্রীযুক্ত মাইকেল মধুসূদন দত্ত পেয়েছিলেন। সেই মোকদ্দমার সব বিষয় যথাযথভাবে জানার জন্য তাঁকে রানীর কোনো এক বংশধরের সঙ্গে একদিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসতে হয়েছিল। মোকদ্দমাসংক্রান্ত সব বিষয় জানার পর এ কথা সে কথায় ঠাকুর যে এখানে আছেন, তা তিনি জানতে পারেন এবং তাঁকে দেখার বাসনা প্রকাশ করেন। ঠাকুরকে সংবাদ দিলে ঠাকুর মধুসূদনের সঙ্গে আলাপ করতে প্রথমে শাস্ত্রীকেই পাঠান এবং পরে নিজেও সেখানে যান। শাস্ত্রীজী মধুসূদনের সঙ্গে আলাপ করতে করতে তাঁকে জিজ্ঞাসা করেন, স্বধর্ম ত্যাগ করে ঈশার ধর্ম অবলম্বন করার হেতু কী। মাইকেল তার উত্তরে বলেন যে, তিনি পেটের দায়েই তা করেছেন। মধুসূদন অপরিচিত লোকের কাছে আত্মকথা খুলে বলতে অনিচ্ছুক হয়ে ওভাবে প্রশ্নের উত্তর দিয়েছিলেন কি না, তা বলতে পারি না; কিন্তু ঠাকুর এবং উপস্থিত সকলেরই মনে হয়েছিল, তিনি আত্মগোপন করে বিদ্রূপচ্ছলে ও কথা বলছেন না, যথার্থ প্রাণের ভাবই বলছেন। যা-ই হোক, এমন উত্তর শুনে শাস্ত্রীজী তাঁর উপর বিষম বিরক্ত হন; বলেন—“কী! এই দুই দিনের সংসারে পেটের দায়ে নিজের ধর্ম পরিত্যাগ করা—এ কী হীন বুদ্ধি! মরতে তো একদিন হবেই—না হয় মরেই যেতেন।” এঁকেই আবার লোকে বড় লোক বলে এবং এঁর গ্রন্থ আদর করে পড়ে, এই ভেবে শাস্ত্রীজীর মনে বিষম ঘৃণা জেগে ওঠে, তাই তিনি তাঁর সঙ্গে আর বেশি কথা বলেননি।
ঠাকুর ও মাইকেল-সংবাদ
অতঃপর মধুসূদন ঠাকুরের শ্রীমুখ থেকে কিছু ধর্মোপদেশ শোনার বাসনা প্রকাশ করেন। ঠাকুর আমাদের বলতেন—“(আমার) মুখ যেন কে চেপে ধরলে, কিছু বলতে দিলে না!” হৃদয় প্রভৃতি কেউ কেউ বলেন, কিছুক্ষণ পরে ঠাকুরের সেই ভাব চলে গিয়েছিল এবং তিনি রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি বিশিষ্ট সাধকদের কয়েকটি পদ মধুর স্বরে গেয়ে মধুসূদনের মন মোহিত করেছিলেন এবং সেই ছলে তাঁকে শিক্ষা দিয়েছিলেন যে, ভগবদ্ভক্তিই সংসারে একমাত্র সার পদার্থ।
শাস্ত্রীর নিজ মত দেওয়ালে লিখে রাখা
মাইকেল বিদায় নেওয়ার পরেও শাস্ত্রীজী মাইকেলের এই স্বধর্মত্যাগের কথা আলোচনা করে বিরক্তি প্রকাশ করেন, এবং পেটের দায়ে স্বধর্মত্যাগ করা যে অতি হীনবুদ্ধির কাজ, এ কথা ঠাকুরের ঘরে ঢোকার দরজার পূর্ব দিকে দালানের দেওয়ালের গায়ে একখণ্ড কয়লা দিয়ে বড় বড় অক্ষরে লিখে রাখেন। দেওয়ালের গায়ে সুস্পষ্ট বড় বড় বাংলা অক্ষরে লেখা শাস্ত্রীর এই মনোভাব আমাদের অনেকেরই নজরে পড়ত এবং আমাদের কৌতূহল জাগাত। পরে একদিন জিজ্ঞাসা করে সব কথা জানতে পারলাম। শাস্ত্রী অনেক দিন এ দেশে থাকায় বাংলা ভাষা বেশ শিখেছিলেন।
শাস্ত্রীর সন্ন্যাসগ্রহণ ও তপস্যা
এইবার শাস্ত্রীর জীবনের শেষ কথা। সুযোগ বুঝে শাস্ত্রীজী একদিন ঠাকুরকে নির্জনে পেয়ে নিজের মনোভাব প্রকাশ করলেন এবং ‘নাছোড়বান্দা’ হয়ে ধরে বসলেন, তাঁকে সন্ন্যাসদীক্ষা দিতে হবে। ঠাকুরও তাঁর আগ্রহাতিশয়ে সম্মত হয়ে শুভদিনে তাঁকে সেই দীক্ষা দিলেন। সন্ন্যাসগ্রহণ করেই শাস্ত্রী আর কালীবাড়িতে রইলেন না। বশিষ্ঠাশ্রমে বসে সিদ্ধকাম না হওয়া পর্যন্ত ব্রহ্মোপলব্ধির চেষ্টায় প্রাণপাত করবেন বলে ঠাকুরের কাছে মনোগত অভিপ্রায় জানালেন এবং সজলনয়নে তাঁর আশীর্বাদ ভিক্ষা ও শ্রীচরণ বন্দনা করে চিরদিনের মতো দক্ষিণেশ্বর পরিত্যাগ করে চলে গেলেন; এরপর নারায়ণ শাস্ত্রীর কোনো নিশ্চিত সংবাদই আর পাওয়া গেল না। কেউ কেউ বলেন, বশিষ্ঠাশ্রমে থেকে কঠোর তপশ্চরণ করতে করতে তাঁর শরীর রোগাক্রান্ত হয় এবং সেই রোগেই তাঁর মৃত্যু হয়েছিল।
সাধু ও সাধকদের দেখতে যাওয়া ঠাকুরের স্বভাব ছিল
আবার যথার্থ সাধু, সাধক বা ভগবদ্ভক্ত যে কোনো সম্প্রদায়ের হোন না কেন, কোথাও বাস করছেন শুনলেই ঠাকুরের তাঁকে দর্শন করতে ইচ্ছা হত এবং এমন ইচ্ছা জাগলে অযাচিতভাবে গিয়েও তাঁর সঙ্গে ভগবৎপ্রসঙ্গে কিছুকাল কাটিয়ে আসতেন। লোকে ভালো বা মন্দ বলবে, অপরিচিত সাধক তাঁর যাওয়ায় সন্তুষ্ট বা অসন্তুষ্ট হবেন, নিজে সেখানে যথাযথ সম্মান পাবেন কি না—এসব চিন্তার একটিও তখন আর তাঁর মনে আসত না। কোনোরকমে সেখানে গিয়ে সেই সাধক কী ভাবের লোক ও নিজের গন্তব্য পথে কতদূরই বা অগ্রসর হয়েছেন ইত্যাদি সব কথা জেনে, বুঝে, একটা স্থির মীমাংসায় উপনীত হয়ে তবে ক্ষান্ত হতেন। শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিতদের কথা শুনলেও ঠাকুর অনেক সময় তেমনই করতেন। পণ্ডিত পদ্মলোচন, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রভৃতি অনেককে ঠাকুর এভাবে দর্শন করতে গিয়েছিলেন এবং তাঁদের কথা আমাদের অনেক সময় গল্পচ্ছলে বলতেন। তাঁদের মধ্যে পণ্ডিত পদ্মলোচনের কথাই আমরা এখন পাঠককে বলছি।
বঙ্গে ন্যায়ের প্রবেশের কারণ
ঠাকুরের আবির্ভাবের আগে বাংলায় বেদান্তশাস্ত্রের চর্চা অতি বিরল ছিল। আচার্য শঙ্কর বহু শতাব্দী আগে বঙ্গের তান্ত্রিকদের তর্কযুদ্ধে পরাজিত করলেও সাধারণ মানুষের মধ্যে নিজ মত বড় একটা প্রতিষ্ঠা করতে পারেননি। ফলে এ দেশের তন্ত্র অদ্বৈতভাবরূপ বেদান্তের মূল তত্ত্বটি সত্য বলে স্বীকার করে নিজের উপাসনাপ্রণালীর ভিতর তার কিছু কিছু প্রবেশ করিয়ে জনসাধারণের মধ্যে আগের মতো পূজাদির প্রচার করতেই থাকে, এবং বাংলার পণ্ডিতেরা ন্যায়দর্শনের আলোচনাতেই নিজেদের উর্বর মস্তিষ্কের সমস্ত শক্তি ব্যয় করতে করতে কালক্রমে নব্য ন্যায় সৃষ্টি করে সেই দর্শনের রাজ্যে অদ্ভুত যুগবিপর্যয় আনেন। আচার্য শঙ্করের কাছে তর্কে পরাজিত ও অপদস্থ হওয়াতেই কি বাঙালি জাতির ভিতর তর্কশাস্ত্রের আলোচনা এত বেশি বেড়ে যায়—কে বলবে? তবে জগৎ অনেকবার দেখেছে, কোনো জাতির কাছে কোনো বিষয়ে পরাজিত হলে অভিমানে অপমানে পরাজিত জাতির ভিতরে সেই বিষয়ে সকলকে অতিক্রম করার ইচ্ছা ও চেষ্টা জেগে ওঠে।
বৈদান্তিক পণ্ডিত পদ্মলোচন
তন্ত্র ও ন্যায়ের রঙ্গভূমি বঙ্গে ঠাকুরের আবির্ভাবের আগে বেদান্তচর্চা এমন বিরল থাকলেও, কেউ কেউ যে তার উদার মীমাংসাগুলির অনুশীলনে আকৃষ্ট হতেন না, তা নয়। পণ্ডিত পদ্মলোচন তাঁদের অন্যতম। ন্যায়ে ব্যুৎপত্তি লাভ করার পর পণ্ডিতজীর বেদান্তদর্শন পড়ার ইচ্ছা হয় এবং সেজন্য ৺কাশীধামে গিয়ে গুরুগৃহে বাস করে তিনি দীর্ঘকাল সেই দর্শনের চর্চায় কাটান। ফলে, কয়েক বছর পরেই তিনি বৈদান্তিক বলে প্রসিদ্ধি লাভ করেন এবং দেশে আসার পর বর্ধমানাধিপের আহ্বানে তাঁর সভাপণ্ডিতের পদ গ্রহণ করেন। পণ্ডিতজীর অদ্ভুত প্রতিভার পরিচয় পেয়ে বর্ধমানরাজ তাঁকে ক্রমে প্রধান সভাপণ্ডিতের পদে প্রতিষ্ঠিত করেন এবং তাঁর সুযশ বঙ্গের সর্বত্র পরিব্যাপ্ত হয়।
পণ্ডিতের অদ্ভুত প্রতিভার দৃষ্টান্ত
পণ্ডিতজীর অদ্ভুত প্রতিভা সম্বন্ধে একটি কথা এখানে বললে মন্দ হবে না। আধ্যাত্মিক কোনো বিষয়ে একদেশী ভাব বুদ্ধিহীনতা থেকেই আসে—এই প্রসঙ্গে ঠাকুর পণ্ডিতজীর সেই কথাটি কখনও কখনও আমাদের কাছে উল্লেখ করতেন। কারণ, আমরা আগেই বলেছি, অসাধারণ সত্যনিষ্ঠ ঠাকুর কারও কাছ থেকে কখনও কোনো মনোমত উদারভাব-প্রকাশক কথা শুনলে তা মনে রাখতেন এবং কথাপ্রসঙ্গে তার উল্লেখ করার সময় যার কাছে তিনি তা প্রথম শুনেছিলেন, তার নামটিও বলতেন।
‘শিব বড় কি বিষ্ণু বড়’
ঠাকুর বলতেন, বর্ধমান-রাজসভায় পণ্ডিতদের ভিতর ‘শিব বড় কি বিষ্ণু বড়’—এই কথা নিয়ে এক সময় মহা তর্ক বাধে। পণ্ডিত পদ্মলোচন তখন সেখানে উপস্থিত ছিলেন না। উপস্থিত পণ্ডিতেরা নিজ নিজ শাস্ত্রজ্ঞান, ও বোধ হয় অভিরুচি অনুসারে কেউ এক দেবতাকে, আবার কেউ বা অন্য দেবতাকে বড় বলে বিষম কোলাহল তুললেন। এভাবে শৈব ও বৈষ্ণব দুই পক্ষে দ্বন্দ্বই চলতে লাগল, কিন্তু কথাটার একটা সুমীমাংসা আর পাওয়া গেল না। কাজেই তখন তার মীমাংসা করার জন্য প্রধান সভাপণ্ডিতের ডাক পড়ল। পণ্ডিত পদ্মলোচন সভায় এসে প্রশ্ন শুনেই বললেন—“আমার চৌদ্দপুরুষে কেহ শিবকেও কখনও দেখেনি, বিষ্ণুকেও কখনও দেখেনি; অতএব কে বড় কে ছোট, তা কেমন করে বলব? তবে শাস্ত্রের কথা শুনতে চাও তো এই বলতে হয় যে, শৈবশাস্ত্রে শিবকে বড় করেছে ও বৈষ্ণবশাস্ত্রে বিষ্ণুকে বাড়িয়েছে; অতএব যার যে ইষ্ট, তার কাছে সেই দেবতাই অন্য সকল দেবতা অপেক্ষা বড়।” এই বলে সকল দেবতার উপরে শিব ও বিষ্ণু উভয়েরই প্রাধান্য যেসব শ্লোকে আছে, পণ্ডিতজী সেগুলি প্রমাণস্বরূপ উদ্ধৃত করে উভয়কেই সমান বড় বলে সিদ্ধান্ত করলেন। পণ্ডিতজীর এই সিদ্ধান্তে তখন বিবাদ মিটে গেল এবং সকলে তাঁকে ধন্য ধন্য করতে লাগলেন। পণ্ডিতজীর এমন আড়ম্বরশূন্য সরল শাস্ত্রজ্ঞান ও স্পষ্টবাদিতাতেই তাঁর প্রতিভার পরিচয় আমরা বিলক্ষণ পাই এবং তাঁর এত সুনাম ও প্রসিদ্ধি যে কেন হয়েছিল, তার কারণ বুঝতে পারি।
পণ্ডিতের ঈশ্বরানুরাগ
শব্দজালরূপ মহারণ্যে বহুদূর পরিভ্রমণ করেছিলেন বলেই যে পণ্ডিতজীর এত সুখ্যাতি হয়েছিল তা নয়। লোকে দৈনন্দিন জীবনেও তাঁর মধ্যে সদাচার, ইষ্টনিষ্ঠা, তপস্যা, উদারতা, নির্লিপ্ততা প্রভৃতি সদ্গুণরাশির পুনঃপুনঃ পরিচয় পেয়ে তাঁকে একজন বিশিষ্ট সাধক বা ঈশ্বর-প্রেমিক বলে স্থির করেছিল। যথার্থ পাণ্ডিত্য ও গভীর ঈশ্বরভক্তির একত্র সমাবেশ সংসারে দুর্লভ; অতএব এ দুটি কোথাও একসঙ্গে পেলে লোকে সেই ব্যক্তির প্রতি বিশেষ আকৃষ্ট হয়। সুতরাং লোক-পরম্পরায় এসব কথা শুনে ঠাকুরের সেই সৎপুরুষকে যে দেখতে ইচ্ছা হবে, এতে বিচিত্র কিছুই নেই। ঠাকুরের মনে যখন এমন ইচ্ছা জাগে, তখন পণ্ডিতজী প্রৌঢ়াবস্থা প্রায় অতিক্রম করতে চলেছেন এবং বর্ধমান-রাজসরকারে অনেক কাল সসম্মানে নিযুক্ত আছেন।
ঠাকুরের মনের স্বভাব ও পণ্ডিতের কলিকাতায় আগমন
ঠাকুরের মনে যখনই যে কাজ করার ইচ্ছা হত, তখনই তা সম্পন্ন করার জন্য তিনি বালকের মতো ব্যস্ত হয়ে উঠতেন। ‘জীবন ক্ষণস্থায়ী, যা করার শীঘ্র করে নাও’—ছেলেবেলা থেকে মনকে এই কথা বুঝিয়ে তীব্র অনুরাগে সব কাজ করার ফলেই বোধ হয় ঠাকুরের মনের এমন স্বভাব হয়ে গিয়েছিল। আবার একনিষ্ঠা ও একাগ্রতা-অভ্যাসের ফলেও যে মনের এমন স্বভাব হয়, এ কথা অল্প চিন্তা করলেই বোঝা যায়। সে যা-ই হোক, ঠাকুরের ব্যস্ততা দেখে মথুরানাথ তাঁকে বর্ধমানে পাঠানোর সংকল্প করছিলেন, এমন সময় সংবাদ পাওয়া গেল, পণ্ডিত পদ্মলোচনের শরীর দীর্ঘকাল অসুস্থ থাকায় তাঁকে আড়িয়াদহের কাছে গঙ্গাতীরের একটি বাগানে হাওয়া বদলের জন্য এনে রাখা হয়েছে এবং গঙ্গার নির্মল হাওয়ায় তাঁর শরীরও আগের চেয়ে কিছু ভালো আছে। সংবাদ যথার্থ কি না, জানার জন্য হৃদয়কে পাঠানো হল।
হৃদয় ফিরে সংবাদ দিল—কথা যথার্থ, পণ্ডিতজী ঠাকুরের কথা শুনে তাঁকে দেখার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন এবং হৃদয়কে তাঁর আত্মীয় জেনে বিশেষ সমাদর করেছেন। তখন দিন ঠিক হল। ঠাকুর পণ্ডিতজীকে দেখতে চললেন। হৃদয় তাঁর সঙ্গে চলল।
পণ্ডিতের ঠাকুরকে প্রথম দর্শন
হৃদয় বলেন, প্রথম মিলন থেকেই ঠাকুর ও পণ্ডিতজী পরস্পরের দর্শনে বিশেষ প্রীত হয়েছিলেন। ঠাকুর তাঁকে অমায়িক, উদার-স্বভাব, সুপণ্ডিত ও সাধক বলে জানতে পেরেছিলেন; এবং পণ্ডিতজীও ঠাকুরকে অদ্ভুত আধ্যাত্মিক অবস্থায় উপনীত মহাপুরুষ বলে ধারণা করেছিলেন। ঠাকুরের মধুর কণ্ঠে মা-র নামগান শুনে পণ্ডিতজী অশ্রু সংবরণ করতে পারেননি; আর মুহুর্মুহু সমাধিতে ঠাকুরের বাহ্য চৈতন্য লোপ পেতে দেখে এবং সেই অবস্থায় তাঁর কেমন সব উপলব্ধি হয়, সেসব কথা শুনে পণ্ডিতজী নির্বাক হয়েছিলেন। শাস্ত্রে লিপিবদ্ধ আধ্যাত্মিক অবস্থাগুলির সঙ্গে শাস্ত্রজ্ঞ পণ্ডিত যে ঠাকুরের অবস্থা মিলিয়ে নিতে চেষ্টা করেছিলেন, তা আমরা বেশ বুঝতে পারি। কিন্তু তা করতে গিয়ে তিনি যে সেদিন ফাঁপরে পড়েছিলেন এবং কোনো একটা বিশেষ সিদ্ধান্তে উপনীত হতে পারেননি, এও সুনিশ্চিত। কারণ ঠাকুরের চরম উপলব্ধিগুলি শাস্ত্রে লিপিবদ্ধ দেখতে না পেয়ে তিনি শাস্ত্রের কথা সত্য, না ঠাকুরের উপলব্ধি সত্য, তা স্থির করতে পারেননি। অতএব শাস্ত্রজ্ঞান ও নিজের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে আধ্যাত্মিক সব বিষয়ে যে বিচারশীল মন সর্বদা স্থির সিদ্ধান্তে উপনীত হত, পণ্ডিতজীর সেই মন ঠাকুরের সঙ্গে পরিচয়ে আলোর ভিতর একটা অন্ধকারের ছায়ার মতো, অপূর্ব আনন্দের ভিতরে একটা অশান্তির ভাব উপলব্ধি করেছিল।
পণ্ডিতের ভক্তি-শ্রদ্ধা-বৃদ্ধির কারণ
প্রথম পরিচয়ের এই প্রীতি ও আকর্ষণে ঠাকুর ও পণ্ডিতজী আরও কয়েকবার মিলিত হয়েছিলেন; এবং তার ফলে ঠাকুরের আধ্যাত্মিক অবস্থা সম্বন্ধে পণ্ডিতজীর ধারণা অপূর্বভাবে গভীর হয়ে উঠেছিল। পণ্ডিতজীর এমন দৃঢ় ধারণা হওয়ার একটি বিশেষ কারণও আমরা ঠাকুরের শ্রীমুখে শুনেছি।
পণ্ডিত পদ্মলোচন বেদান্তোক্ত জ্ঞানবিচারের সঙ্গে তন্ত্রোক্ত সাধন-প্রণালীর বহুকাল অনুষ্ঠান করে আসছিলেন; এবং সেই অনুষ্ঠানের ফলও কিছু কিছু জীবনে প্রত্যক্ষ করেছিলেন। ঠাকুর বলতেন, জগদম্বা তাঁকে পণ্ডিতজীর সাধনালব্ধ শক্তি সম্বন্ধে একটি গোপনীয় কথা সেই সময়ে জানিয়ে দেন। তিনি জানতে পারেন, সাধনায় প্রসন্ন হয়ে পণ্ডিতজীর ইষ্টদেবী তাঁকে বর দিয়েছিলেন বলেই তিনি এতকাল ধরে অগণ্য পণ্ডিতসভায় অন্য সকলের অজেয় হয়ে নিজের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে পেরেছেন! পণ্ডিতজীর কাছে সর্বদা একটি জলভরা গাড়ু ও একখানি গামছা থাকত; এবং কোনো প্রশ্নের মীমাংসা করতে বসার আগে সেগুলি হাতে নিয়ে ইতস্তত কয়েক পা ঘুরে এসে মুখ ধুয়ে মোক্ষণ করে তবে সে কাজ শুরু করতেন—বরাবর এই ছিল তাঁর রীতি। তাঁর এই রীতি বা অভ্যাসের কারণ খোঁজার কৌতূহল কারও কখনও হয়নি এবং তার যে কোনো নিগূঢ় কারণ আছে, তাও কেউ কখনও কল্পনা করেনি। তাঁর ইষ্টদেবীর আদেশেই যে তিনি এমন করতেন এবং তা করলেই যে তাঁর মধ্যে শাস্ত্রজ্ঞান, বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতিত্ব দৈববলে সম্যক জাগরিত হয়ে উঠে তাঁকে অন্যের অজেয় করে তুলত, পণ্ডিতজী এ কথা কারও কাছে—এমনকি নিজের সহধর্মিণীর কাছেও কখনও প্রকাশ করেননি। পণ্ডিতজীর ইষ্টদেবী তাঁকে তেমন করতে নিভৃতে প্রাণে প্রাণে বলে দিয়েছিলেন এবং তিনিও সেই থেকে এতকাল ধরে তা অক্ষুণ্ণভাবে পালন করে অন্যের অজ্ঞাতসারে তার ফল প্রত্যক্ষ করে আসছিলেন।
ঠাকুরের পণ্ডিতের সিদ্ধাই জানতে পারা
ঠাকুর বলতেন—জগদম্বার কৃপায় সে কথা জানতে পেরে তিনি সুযোগ বুঝে একদিন পণ্ডিতজীর গাড়ু, গামছা তাঁর অজ্ঞাতসারে লুকিয়ে রাখেন এবং পণ্ডিতজীও সে দুটির অভাবে উপস্থিত প্রশ্নের মীমাংসায় হাত দিতে না পেরে সেগুলি খুঁজতেই ব্যস্ত হন। পরে যখন জানতে পারলেন ঠাকুর এ কাজ করেছেন, তখন আর পণ্ডিতজীর আশ্চর্যের সীমা রইল না! আবার যখন বুঝলেন ঠাকুর সব কথা জেনেশুনেই তা করেছেন, তখন পণ্ডিতজী আর থাকতে না পেরে তাঁকে সাক্ষাৎ নিজের ইষ্ট জ্ঞান করে সজলনয়নে স্তবস্তুতি করলেন। সেই থেকে পণ্ডিতজী ঠাকুরকে সাক্ষাৎ ঈশ্বরাবতার বলে জ্ঞান করতেন এবং সেইমতো ভক্তি করতেন। ঠাকুর বলতেন, “পদ্মলোচন অত বড় পণ্ডিত হয়েও এখানে (আমাতে) এতটা বিশ্বাস ভক্তি করত! বলেছিল—‘আমি সেরে উঠে সব পণ্ডিতদের ডাকিয়ে সভা করে সকলকে বলব, তুমি ঈশ্বরাবতার; আমার কথা কে কাটতে পারে দেখব।’ মথুর (এক সময়ে অন্য কারণে) যত পণ্ডিতদের ডাকিয়ে দক্ষিণেশ্বরে এক সভার যোগাড় করছিল। পদ্মলোচন নির্লোভ অশূদ্রপ্রতিগ্রাহী নিষ্ঠাচারী ব্রাহ্মণ; সভায় আসবে না ভেবে আসবার জন্য অনুরোধ করতে বলেছিল! মথুরের কথায় তাকে জিজ্ঞাসা করেছিলাম—‘হ্যাঁগো, তুমি দক্ষিণেশ্বরে যাবে না?’ তাইতে বলেছিল, ‘তোমার সঙ্গে হাড়ির বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারি! কৈবর্তের বাড়িতে সভায় যাব, এ আর কী বড় কথা’!”
পণ্ডিতের কাশীধামে শরীর-ত্যাগ
মথুরবাবুর ডাকা সভায় কিন্তু পণ্ডিতজীকে যেতে হয়নি। সভা ডাকার আগেই তাঁর শারীরিক অসুস্থতা বিশেষ বেড়ে যায় এবং তিনি সজলনয়নে ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে ৺কাশীধামে যান। শোনা যায়, সেখানে অল্পকাল পরেই তাঁর শরীরত্যাগ হয়।
এর বহুকাল পরে ঠাকুরের কলিকাতার ভক্তেরা যখন তাঁর শ্রীচরণপ্রান্তে আশ্রয় নিয়েছে এবং ভক্তির উত্তেজনায় তাদের ভিতর কেউ কেউ ঠাকুরকে ঈশ্বরাবতার বলে প্রকাশ্যে ঘোষণা করছে, তখন সেই ভক্তদের এই আচরণের কথা জানতে পেরে ঠাকুর তাদের তা করতে নিষেধ করে পাঠান; এবং ভক্তির আতিশয্যে তারা যে ওই কাজ থেকে বিরত হয়নি, কয়েক দিন পরে এ সংবাদ পেয়ে বিরক্ত হয়ে তিনি একদিন আমাদের বলেছিলেন, “কেউ ডাক্তারি করে, কেউ থিয়েটারের ম্যানেজারি করে, এখানে এসে অবতার বললেন। ওরা মনে করে ‘অবতার’ বলে আমাকে খুব বাড়ালে—বড় করলে! কিন্তু ওরা অবতার কাকে বলে, তার বোঝে কী? ওদের এখানে আসবার ও অবতার বলবার ঢের আগে পদ্মলোচনের মতো লোক—যারা সারা জীবন ঐ বিষয়ের চর্চায় কাল কাটিয়েছে—কেউ ছ-টা দর্শনে পণ্ডিত, কেউ তিনটে দর্শনে পণ্ডিত—কত সব এখানে এসে অবতার বলে গেছে। অবতার বলা তুচ্ছজ্ঞান হয়ে গেছে। ওরা অবতার বলে এখানকার (আমার) আর কী বাড়াবে বল্?”
পদ্মলোচন ছাড়া আরও অনেক খ্যাতনামা পণ্ডিতের সঙ্গে ঠাকুরের সময়ে সময়ে সাক্ষাৎ হয়েছিল। তাঁদের ভিতরে ঠাকুর যেসব বিশেষ গুণের পরিচয় পেয়েছিলেন, কথাপ্রসঙ্গে তাও তিনি কখনও কখনও আমাদের বলতেন। তেমন কয়েকটি কথাও সংক্ষেপে এখানে বললে মন্দ হবে না।
দয়ানন্দের সম্বন্ধে ঠাকুর
আর্যমত-প্রবর্তক স্বামী দয়ানন্দ সরস্বতী এক সময়ে বঙ্গদেশে বেড়াতে এসে কলিকাতার উত্তরে বরাহনগরের সিঁতি নামের পল্লিতে একজন ভদ্রলোকের বাগানে কিছুকাল বাস করেন। সুপণ্ডিত বলে বিশেষ প্রসিদ্ধি লাভ করলেও তখনও তিনি নিজের মত প্রচার করে দল গঠন করেননি। তাঁর কথা শুনে ঠাকুর একদিন সেখানে তাঁকে দেখতে গিয়েছিলেন। দয়ানন্দের কথাপ্রসঙ্গে ঠাকুর একদিন আমাদের বলেছিলেন, “সিঁতির বাগানে দেখতে গিয়েছিলাম; দেখলাম—একটু শক্তি হয়েছে; বুকটা সর্বদা লাল হয়ে রয়েচে; বৈখরী অবস্থা—দিনরাত চব্বিশ ঘণ্টাই কথা (শাস্ত্রকথা) কচ্চে; ব্যাকরণ লাগিয়ে অনেক কথার (শাস্ত্রবাক্যের) মানে সব উলটো-পালটা করতে লাগল; নিজে একটা কিছু করব, একটা মত চালাব—এ অহঙ্কার ভেতরে রয়েচে!”
জয়নারায়ণ পণ্ডিত
জয়নারায়ণ পণ্ডিতের কথায় ঠাকুর বলতেন, “অত বড় পণ্ডিত, কিন্তু অহঙ্কার ছিল না; নিজের মৃত্যুর কথা জানতে পেরে বলেছিল, কাশী যাবে ও সেখানে দেহ রাখবে—তাই হয়েছিল।”
রামভক্ত কৃষ্ণকিশোর
আড়িয়াদহ-নিবাসী কৃষ্ণকিশোর ভট্টাচার্যের শ্রীরামচন্দ্রে পরম ভক্তির কথা ঠাকুর অনেক সময় উল্লেখ করতেন। কৃষ্ণকিশোরের বাড়িতে ঠাকুরের যাতায়াত ছিল এবং তাঁর পরম ভক্তিমতী সহধর্মিণীও ঠাকুরকে বিশেষ ভক্তি করতেন। রামনামে ভক্তির তো কথাই নেই, ঠাকুর বলতেন—কৃষ্ণকিশোর ‘মরা’ ‘মরা’ শব্দটিকেও ঋষিপ্রদত্ত মহামন্ত্র জ্ঞান করে বিশেষ ভক্তি করতেন। কারণ, পুরাণে লেখা আছে, সেই শব্দই মন্ত্ররূপে নারদ ঋষি দস্যু বাল্মীকিকে দিয়েছিলেন এবং তা বারংবার ভক্তিভরে উচ্চারণ করার ফলেই বাল্মীকির মনে শ্রীরামচন্দ্রের অপূর্ব লীলা স্ফুরিত হয়ে তাঁকে রামায়ণপ্রণেতা কবি করে তুলেছিল। কৃষ্ণকিশোর সংসারে শোকতাপও অনেক পেয়েছিলেন। তাঁর দুই উপযুক্ত পুত্রের মৃত্যু হয়। ঠাকুর বলতেন, পুত্রশোকের এমনি প্রভাব, অত বড় বিশ্বাসী ভক্ত কৃষ্ণকিশোরও তাতে প্রথম প্রথম সামলাতে না পেরে আত্মহারা হয়েছিলেন।
এই সাধকদের ছাড়া ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতিকেও দেখতে গিয়েছিলেন; এবং মহর্ষির উদার ভক্তি ও ঈশ্বরচন্দ্রের কর্মযোগপরায়ণতার কথা আমাদের কাছে সময়ে সময়ে উল্লেখ করতেন।
[1] ‘রামলালা’ অর্থাৎ বালকবেশী শ্রীরামচন্দ্র। ভারতবর্ষের উত্তর-পশ্চিমাঞ্চলে লোকে বালকবালিকাদের আদর করে লাল বা লালা ও লালী বলে ডাকে। সেজন্য শ্রীরামচন্দ্রের বাল্যাবস্থার পরিচায়ক সেই অষ্টধাতুনির্মিত মূর্তিটিকে ওই বাবাজী ‘রামলালা’ বলে সম্বোধন করতেন। বঙ্গভাষাতেও ‘দুলাল’, ‘দুলালী’ প্রভৃতি শব্দের তেমন প্রয়োগ দেখা যায়।
[2] “অন্তঃসংজ্ঞা ভবন্ত্যেতে সুখদুঃখসমন্বিতাঃ” – বৃক্ষপ্রস্তরাদি জড়পদার্থেরও চৈতন্য আছে; সেগুলির ভিতরেও সুখদুঃখের অনুভূতি বর্তমান।
[3] ইনি কয়েক বছর হল দেহত্যাগ করেছেন। কালীঘাটে অনেক সময় থাকতেন এবং অচলানন্দনাথ নামে প্রসিদ্ধ ছিলেন। ইনি অনেকগুলি শিষ্য-প্রশিষ্য রেখে যান। এঁর দেহত্যাগের পর শিষ্যেরা কালীঘাটের নিকটবর্তী অন্য এক গ্রামে মহাসমারোহে তাঁর শরীরের মৃৎসমাধি দেয়।
[4] গলির নাম মধু রায়ের গলি।
[5]সাধকভাব (১০ম সংস্করণ) দ্রষ্টব্য – প্রঃ।
যদ্ যদ্ বিভূতিমৎ সত্ত্বং শ্রীমদূর্জিতমেব বা।
তত্তদেবাবগচ্ছ ত্বং মম তেজোঽংশসম্ভবম্॥
– গীতা, ১০।৪১
অপরাপর আচার্য পুরুষদের সঙ্গে তুলনায় ঠাকুরের জীবনের অদ্ভুত নতুনত্ব
গুরুভাবের প্রেরণায় ভাবমুখে অবস্থিত ঠাকুর কত স্থানে কত লোকের সঙ্গে কত প্রকারে যে লীলা করেছিলেন, তার সমুদয় লিপিবদ্ধ করা কারও সাধ্য নয়। তার কিছু কিছু আগেই আমরা পাঠককে উপহার দিয়েছি। ঠাকুরের তীর্থভ্রমণও সেই ভাবেই হয়েছিল। এখন আমরা পাঠককে সে কথাই বলার চেষ্টা করব।
আমরা যতদূর দেখেছি, ঠাকুরের কোনো কাজই উদ্দেশ্যবিহীন বা নিরর্থক ছিল না। তাঁর জীবনের অতি সামান্য সামান্য দৈনিক ব্যবহারগুলি পর্যালোচনা করলেও দেখা যায়, সেগুলি গভীর ভাবপূর্ণ—বিশেষ ঘটনাগুলির তো কথাই নেই। আবার এমন অঘটন-ঘটনাবলি-পরিপূর্ণ জীবন বর্তমান যুগে আধ্যাত্মিক জগতে আর একটিও দেখা যায়নি। আজীবন তপস্যা ও চেষ্টায় ঈশ্বরের অনন্ত ভাবের কোনো একটিরই সম্যক উপলব্ধি যেখানে মানুষ করে উঠতে পারে না, সেখানে নানাভাবে তাঁর উপলব্ধি ও দর্শন করা—সকল প্রকার ধর্মমত সাধনার সাহায্যে সত্য বলে প্রত্যক্ষ করা এবং সকল মতের সাধকদেরই নিজ নিজ গন্তব্যপথে অগ্রসর হতে সহায়তা করা! আধ্যাত্মিক জগতে এমন দৃষ্টান্ত দেখা দূরে থাকুক, কখনও কি আর শোনা গেছে? প্রাচীন যুগের ঋষি আচার্য বা অবতার মহাপুরুষেরা এক-একটি বিশেষ ভাবের পথ ধরে স্বয়ং ঈশ্বরোপলব্ধি করে সেই ভাবকেই ঈশ্বরদর্শনের একমাত্র পথ বলে ঘোষণা করেছিলেন; অপরাপর নানা ভাব অবলম্বন করেও যে ঈশ্বরকে উপলব্ধি করা যেতে পারে, এ কথা উপলব্ধি করার সুযোগ পাননি। অথবা নিজেরা সেই সত্য অল্পবিস্তর প্রত্যক্ষ করতে পারলেও, তা প্রচার করলে জনসাধারণের ইষ্টনিষ্ঠার দৃঢ়তা কমে গিয়ে তাদের ধর্মোপলব্ধির অনিষ্ট হবে—এই ভেবে সর্বসমক্ষে সে কথা ঘোষণা করেননি। কিন্তু যা ভেবেই তাঁরা এমন করে থাকুন, তাঁরা যে তাঁদের গুরুভাবের সাহায্যে একদেশী ধর্মমতসমূহই প্রচার করেছিলেন এবং কালে সেগুলিই যে মানবমনে ঈর্ষা-দ্বেষাদির বিপুল প্রসার ঘটিয়ে অনন্ত বিবাদ এবং অনেক সময়ে রক্তপাতেরও হেতু হয়েছিল, ইতিহাস এ বিষয়ে নিঃসংশয় সাক্ষ্য দিচ্ছে।
ঠাকুর নিজ জীবনে কী সপ্রমাণ করেছেন এবং তাঁর উদার মত ভবিষ্যতে কতদূর প্রসারিত হবে
শুধু তা-ই নয়, এমন একঘেয়ে একদেশী ধর্মভাব প্রচারের ফলে পরস্পরবিরোধী নানা মত উৎপন্ন হয়ে ঈশ্বরলাভের পথকে এতই জটিল করে তুলেছিল যে, সে জটিলতা ভেদ করে সত্যস্বরূপ ঈশ্বরের দর্শনলাভ করা সম্পূর্ণ অসম্ভব বলেই সাধারণ বুদ্ধিতে মনে হচ্ছিল! ইহকালাবসায়ী ভোগৈকসর্বস্ব পাশ্চাত্যের জড়বাদ আবার সময় বুঝেই যেন দুর্দমনীয় বেগে শিক্ষার ভিতর দিয়ে ঠাকুরের আবির্ভাবের কিছুকাল আগে থেকে ভারতে প্রবেশ করে তরলমতি বালক ও যুবকদের মন কলুষিত করে নাস্তিকতা, ভোগানুরাগ প্রভৃতি নানা বৈদেশিক ভাবে দেশ প্লাবিত করছিল। পবিত্রতা, ত্যাগ ও ঈশ্বরানুরাগের জ্বলন্ত নিদর্শন-স্বরূপ এই অলৌকিক ঠাকুরের আবির্ভাবে ধর্ম পুনরায় প্রতিষ্ঠিত না হলে দুর্দশা কতদূর গড়াত, তা কে বলতে পারে? ঠাকুর স্বয়ং সাধন করে দেখালেন যে, ভারত এবং ভারতেতর দেশে প্রাচীন যুগে যত ঋষি, আচার্য, অবতার মহাপুরুষেরা জন্মগ্রহণ করে যত প্রকার ভাবে ঈশ্বরোপলব্ধি করেছেন এবং ধর্মজগতে ঈশ্বরলাভের যত প্রকার মত প্রচার করে গেছেন, তার কোনোটিই মিথ্যা নয়—প্রত্যেকটিই সম্পূর্ণ সত্য; বিশ্বাসী সাধক সেই সব পথ ধরে অগ্রসর হয়ে এখনও তাঁদের মতো ঈশ্বরদর্শন করে ধন্য হতে পারেন। —দেখালেন যে, পরস্পরবিরুদ্ধ সামাজিক আচার, রীতিনীতি প্রভৃতি নিয়ে ভারতীয় হিন্দু ও মুসলমানের ভিতর পর্বত-সদৃশ ব্যবধান বিদ্যমান থাকলেও উভয়ের ধর্মই সত্য; উভয়েই এক ঈশ্বরের ভিন্ন ভিন্ন ভাবের উপাসনা করে, বিভিন্ন পথ দিয়ে অগ্রসর হয়ে, কালে সেই প্রেমস্বরূপের সঙ্গে প্রেমে এক হয়ে যায়। দেখালেন যে, সেই সত্যের ভিত্তির উপর দাঁড়িয়েই তারা উভয়েই উভয়কে কালে সপ্রেম আলিঙ্গনে বদ্ধ করবে এবং বহু কালের বিবাদ ভুলে শান্তিলাভ করবে। —এবং দেখালেন যে, কালে ভোগলোলুপ পাশ্চাত্যও ‘ত্যাগেই শান্তি’ এ কথা হৃদয়ঙ্গম করে ঈশা-প্রচারিত ধর্মমতের সঙ্গে ভারত এবং অন্যান্য দেশের ঋষি এবং অবতারকুল-প্রচারিত ধর্মমতসমূহের সত্যতা উপলব্ধি করবে এবং নিজের কর্মজীবনের সঙ্গে ধর্মজীবনের সম্বন্ধ স্থাপন করে ধন্য হবে! এই অদ্ভুত ঠাকুরের জীবনালোচনায় আমরা যতই অগ্রসর হব ততই দেখতে পাব, ইনি দেশবিশেষ, জাতিবিশেষ, সম্প্রদায়বিশেষ বা ধর্মবিশেষের সম্পত্তি নন। পৃথিবীর সমস্ত জাতিকেই একদিন শান্তিলাভের জন্য এঁর উদার মতের আশ্রয় নিতে হবে। ভাবমুখে অবস্থিত ঠাকুর ভাবরূপে তাদের ভিতর প্রবেশ করে সমুদয় সংকীর্ণতার গণ্ডি ভেঙেচুরে তাঁর নবীন ছাঁচে ফেলে তাদের এক অপূর্ব একতাবন্ধনে আবদ্ধ করবেন।
এ বিষয়ে প্রমাণ
ভারতের পরস্পর-বিরোধী চিরবিবদমান যাবতীয় প্রধান প্রধান সম্প্রদায়ের সাধককুল ঠাকুরের কাছে এসে যে তাঁর মধ্যে নিজ নিজ ভাবের পূর্ণাদর্শ দেখতে পেয়েছিলেন, এবং তাঁকে নিজ নিজ গন্তব্য পথেরই পথিক বলে স্থির ধারণা করেছিলেন, এতে সেই কথাই সূচিত হচ্ছে। ঠাকুরের গুরুভাবের যে কাজ এভাবে ভারতে প্রথম আরম্ভ হয়ে ভারতীয় ধর্মসম্প্রদায়গুলির ভিতর একতা এনে দেওয়ার সূত্রপাত করে গেছে, সে কাজ যে শুধু ভারতের ধর্মবিবাদ ঘুচিয়ে থেমে যাবে তা নয়—এশিয়ার ধর্মবিবাদ, ইউরোপের ধর্মহীনতা ও ধর্মবিদ্বেষ সমস্তই ধীর স্থির পদসঞ্চারে শনৈঃ শনৈঃ তিরোহিত করে সমগ্র পৃথিবী জুড়ে এক অদৃষ্টপূর্ব শান্তির রাজ্য স্থাপন করবে। দেখছ না, ঠাকুরের অন্তর্ধানের পর থেকে সেই কাজ কত দ্রুতপদসঞ্চারে অগ্রসর হচ্ছে? দেখছ না, কীভাবে গুরুগতপ্রাণ পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের ভিতর দিয়ে আমেরিকা ও ইউরোপে ঠাকুরের ভাব প্রবেশলাভ করে এই স্বল্পকালের মধ্যেই চিন্তাজগতে কী যুগান্তর এনে দিয়েছে? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যতই চলে যাবে ততই এই অমোঘ ভাবরাশি সকল জাতির ভিতর, সকল ধর্মের ভিতর, সকল সমাজের ভিতর নিজের প্রভাব বিস্তার করে অদ্ভুত যুগান্তর এনে দেবে। কার সাধ্য এর গতি রোধ করে? অদৃষ্টপূর্ব তপস্যা ও পবিত্রতার সাত্ত্বিক তেজোদ্দীপ্ত এই ভাবরাশির সীমা কে উল্লঙ্ঘন করবে? যে-সব যন্ত্রের সাহায্যে এটি বর্তমানে প্রসারিত হচ্ছে, সেগুলি ভগ্ন হবে, কোথা থেকে এটি প্রথম উত্থিত হল তা-ও হয়তো বহুকাল পরে অনেকে ধরতে বুঝতে পারবে না, কিন্তু এই অনন্তমহিমোজ্জ্বল ভাবময় ঠাকুরের স্নিগ্ধোদ্দীপ্ত ভাবরাশি হৃদয়ে যত্নে পোষণ করে তাঁরই ছাঁচে জীবন গড়ে পৃথিবীর সকলকেই একদিন ধন্য হতে হবে নিশ্চয়।
ঠাকুরের ভাবপ্রসার কীভাবে বুঝতে হবে
অতএব ভারতের বিভিন্ন ধর্মসম্প্রদায়ভুক্ত সাধককুল ঠাকুরের কাছে এসে যথার্থ ধর্মলাভ করে ধন্য হয়েছিলেন—এই যে-সব কথা আমরা তোমাকে উপহার দিচ্ছি, হে পাঠক, কেবলমাত্র ভাসাভাসা ভাবে গল্পের মতো সেগুলি পড়েই থেমে যেয়ো না। ভাবমুখে অবস্থিত এই অলৌকিক ঠাকুরের দিব্য ভাবরাশি প্রথমে যথাসম্ভব ধরবার বোঝবার চেষ্টা করো; পরে সেই সব কথার ভিতর তলিয়ে দেখতে থাকো, কীভাবে সেই ভাবরাশির প্রসার আরম্ভ হল, কীভাবেই বা তা পরিপুষ্ট হয়ে প্রথমে পুরাতন, পরে নবীন ভাবে শিক্ষিত মানুষদের ভিতর নিজের প্রভাব বিস্তার করতে লাগল এবং কীভাবেই বা পরে তা ভারত থেকে ভারতেতর দেশে পৌঁছে পৃথিবীর ভাবজগতে যুগান্তর এনে দিচ্ছে।
ঠাকুরের ভাবের প্রথম প্রচার হয় দক্ষিণেশ্বরে আসা এবং তীর্থে দেখা সকল সম্প্রদায়ের সাধুদের ভিতরে
ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ভুক্ত সাধককুলকে নিয়েই ঠাকুরের ভাবরাশির প্রথম বিস্তার। আমরা আগেই বলেছি, ঠাকুর যখন যে ভাবে সিদ্ধ হয়েছিলেন, তখন সেই ভাবের ভাবুক সাধককুল তাঁর কাছে স্বতঃপ্রেরিত হয়ে এসে সেই ভাবের পূর্ণাদর্শ তাঁর মধ্যে দেখে ও তাঁর সহায়তা লাভ করে অন্যত্র চলে গিয়েছিলেন। তা ছাড়া মথুরবাবু ও তাঁর পত্নী পরম ভক্তিমতী জগদম্বা দাসীর অনুরোধে ঠাকুর শ্রীবৃন্দাবন পর্যন্ত তীর্থপর্যটনে গিয়েছিলেন। কাশী বৃন্দাবনাদি তীর্থে সাধুভক্তের অভাব নেই। অতএব সেই সব স্থানেও যে বিশিষ্ট বিশিষ্ট সাধকেরা ঠাকুরের সঙ্গে মিলিত হয়ে তাঁর গুরুভাবের সাহায্যে ধন্য হয়েছিলেন, এ কথা শুধু যে আমরা অনুমান করতে পারি তা-ই নয়, তার কিছু কিছু আভাস তাঁর শ্রীমুখেও শুনতে পেয়েছি। তারও কিছু কিছু এখানে লিপিবদ্ধ করা আবশ্যক।
জীবনে উচ্চাবচ নানা অদ্ভুত অবস্থায় পড়ে নানা শিক্ষা পেয়েই ঠাকুরের ভিতর অপূর্ব আচার্যত্ব ফুটে ওঠে
ঠাকুর বলতেন, “ঘুঁটি সব ঘর ঘুরে তবে চিকে ওঠে; মেথর থেকে রাজা অবধি সংসারে যত রকম অবস্থা আছে সে সমুদয় দেখে শুনে, ভোগ করে, তুচ্ছ বলে ঠিক ঠিক ধারণা হলে তবে পরমহংস অবস্থা হয়, যথার্থ জ্ঞানী হয়!” এ তো গেল সাধকের নিজের চরমজ্ঞানে উপনীত হওয়ার কথা। আবার লোকশিক্ষক বা জনসাধারণের যথার্থ শিক্ষক হতে হলে কেমন হওয়া আবশ্যক, সে সম্বন্ধে বলতেন, “আত্মহত্যা একটা নরুন দিয়ে করা যায়; কিন্তু পরকে মারতে হলে (শত্রুজয়ের জন্য) ঢাল খাঁড়ার দরকার হয়।” ঠিক ঠিক আচার্য হতে গেলে তাঁকে সবরকম সংস্কারের ভিতর দিয়ে নানাভাবে শিক্ষালাভ করে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিসম্পন্ন হতে হয়। “অবতার, সিদ্ধপুরুষ এবং জীবে শক্তি নিয়েই প্রভেদ”—ঠাকুর এ কথা বারংবার আমাদের বলেছেন। দেখো না, রাজনীতি ইত্যাদি ব্যবহারিক জগতে বিসমার্ক, গ্লাডস্টোন প্রভৃতি প্রতিভাশালী ব্যক্তিদের, দেশের প্রাচীন ও বর্তমান সমস্ত ইতিহাস ও ঘটনাদির প্রতি দৃষ্টি রেখে, সাধারণ মানুষের চেয়ে কত বেশি শক্তিসম্পন্ন হতে হয়; এমন শক্তিসম্পন্ন হন বলেই তো তাঁরা ধরতে বুঝতে পারেন, বর্তমানকালে প্রচলিত কোন ভাবটি পঞ্চাশ বা তারও বেশি বছর পরে কেমন আকার ধারণ করে দেশের জনসাধারণের অহিত করবে, এবং সেজন্য এখন থেকে তার বিপরীত ভাবে এমন সব কাজের সূচনা করে যান, যাতে দীর্ঘকাল পরে সেই ভাব প্রবল হয়ে দেশে তেমন অমঙ্গল আর আনতে না পারে! আধ্যাত্মিক জগতেও ঠিক তেমনই বুঝতে হবে। প্রাচীন যুগের ঋষিরা পূর্ব পূর্ব যুগে কী কী আধ্যাত্মিক ভাবের প্রবর্তন করে গিয়েছিলেন, এতদিন পরে সেই সব ভাব কেমন আকার ধারণ করে জনসাধারণের কতটা ইষ্ট করেছে ও করছে এবং বিকৃত হয়ে কতটা অনিষ্টই বা করছে ও করবে, সেই সব ভাবের এমন বিকৃত হওয়ার কারণই বা কী, বর্তমানে দেশে যে-সব আধ্যাত্মিক ভাব প্রবর্তিত হয়েছে সেগুলিও কালে বিকৃত হতে হতে দুই-এক শতাব্দী পরে কেমন আকার ধারণ করে কীভাবে জনসাধারণের আরও অহিতকর হবে—এ সমস্ত কথা ঠিক ঠিক বুঝে অবতার বা যথার্থ আচার্যপুরুষদের নবীন ভাবের কাজ প্রবর্তন করে যেতে হয়। কারণ, সেই সব বিষয় যথার্থভাবে ধরতে বুঝতে না পারলে সকলের বর্তমান অবস্থা ধরবেন বুঝবেন কীভাবে, এবং রোগ ঠিক ঠিক ধরতে না পারলে তার ওষুধ প্রয়োগই বা কীভাবে করবেন? তাই তীব্র তপস্যাদি করে ওই ওষুধ দেওয়ার জন্য নিজেকে শক্তিসম্পন্ন করা ছাড়াও সংসারে নানা অবস্থায় পড়ে আচার্যদের যতটা শিক্ষালাভ করতে হয়—অন্য সাধারণ সাধককে ততটা করতে হয় না। দেখো না, ঠাকুরকে কত রকম অবস্থার সঙ্গে পরিচিত হতে হয়েছিল। দরিদ্রের কুটিরে জন্মগ্রহণ করে বাল্যে কঠোর দারিদ্র্যের সঙ্গে, কালীবাড়ির পূজকের পদ নিতে রাজি হয়ে যৌবনে পরের দাসত্বের হীনাবস্থার সঙ্গে, সাধকাবস্থায় ভগবানের জন্য আত্মহারা হয়ে আত্মীয়-কুটুম্বদের তীব্র তিরস্কার, লাঞ্ছনা অথবা গভীর মনস্তাপ এবং সাংসারিক সাধারণ মানুষের কাছে পাগল বলে নিতান্ত উপেক্ষা বা করুণার সঙ্গে, তাঁর উপর মথুরবাবুর ভক্তি-শ্রদ্ধার উদয় হলে রাজতুল্য ভোগ ও সম্মানের সঙ্গে, নানা সাধককুল ঈশ্বরাবতার বলে তাঁর পাদপদ্মে হৃদয়ের ভক্তি-প্রীতি ঢেলে দেওয়ায় দেবতুল্য পরম ঐশ্বর্যের সঙ্গে—এমন কতই না অবস্থার সঙ্গে পরিচিত হয়ে সেই সব অবস্থায় সর্বতোভাবে অবিচলিত থাকার বিষম পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল! অনন্য অনুরাগ একদিকে যেমন তাঁকে ঈশ্বরলাভের জন্য অদৃষ্টপূর্ব তীব্র তপস্যায় লাগিয়ে তাঁর যোগপ্রসূত অতীন্দ্রিয় সূক্ষ্মদৃষ্টি সম্পূর্ণ খুলে দিয়েছিল, সংসারের এই সব নানা অবস্থার সঙ্গে পরিচয়ও আবার তেমনই অপর দিকে তাঁকে বাহ্য বর্তমান জগতের সকল প্রকার অবস্থার লোকের ভিতরের ভাব ঠিক ঠিক ধরে বুঝে তাদের সঙ্গে ব্যবহারে কুশলী এবং তাদের সকল প্রকার সুখ-দুঃখে সহানুভূতিসম্পন্ন করে তুলেছিল। কারণ, ভিতরের ও বাইরের এই সব অবস্থার ভিতর দিয়েই ঠাকুরের গুরুভাব বা আচার্যভাব দিন দিন আরও বিকশিত ও পরিস্ফুট হতে দেখা গিয়েছিল।
তীর্থ-ভ্রমণে ঠাকুর কী শিখেছিলেন; ঠাকুরের ভিতর দেব ও মানব উভয় ভাব ছিল
তীর্থ-ভ্রমণও যে ঠাকুরের জীবনে তেমনই ফল এনে দিয়েছিল, তাতে আর সন্দেহ নেই। যুগাচার্য ঠাকুরের পক্ষে দেশের সাধারণ মানুষের আধ্যাত্মিক অবস্থার বিষয় জানা আবশ্যক ছিল। মথুরের সঙ্গে তীর্থ-ভ্রমণে যাওয়ার ফলে সে কাজ যে অনেকটা সিদ্ধ হয়েছিল, তা নিঃসন্দেহ। কারণ, অন্তর্জগতে ঠাকুরের যে প্রজ্ঞাচক্ষু মায়ার সমগ্র আবরণ ভেদ করে সকলের অন্তর্নিহিত ‘একমেবাদ্বিতীয়ম্’ অখণ্ড সচ্চিদানন্দকে সর্বদা দর্শন স্পর্শন করতে সমর্থ হত, বহির্জগতে লৌকিক ব্যবহারের সম্পর্কে এসে সেই চক্ষুই আবার এই সময়ে এক কথাতেই লোকের ভিতরের ভাব ধরতে এবং দু-চারটি ঘটনা দেখেই সমাজের ও দেশের অবস্থা বুঝতে বিশেষ পটু হয়েছিল। অবশ্য বুঝতে হবে, ঠাকুরের সাধারণ অবস্থা লক্ষ করেই আমরা এ কথা বলছি, নতুবা যোগবলে উচ্চ ভূমিতে উঠে যখন তিনি দিব্যদৃষ্টির সাহায্যে ব্যক্তিগত, সমাজগত বা প্রদেশগত অবস্থার দর্শন ও উপলব্ধি করতেন এবং কোন উপায় অবলম্বন করলে তাদের বর্তমান দুর্দশার অবসান হবে তা সম্যক নির্ধারণ করতেন, তখন সাধারণ মানুষের মতো বাহ্যদৃষ্টিতে দেখে শুনে তুলনা ও আলোচনা করে কোনো বিষয় জানার ওপারে তিনি চলে যেতেন এবং ওইভাবে সে বিষয়ের তত্ত্বনিরূপণের আর প্রয়োজনই তাঁর হত না! দেব-মানব ঠাকুরকে আমরা সাধারণ বাহ্যদৃষ্টি এবং অসাধারণ যোগদৃষ্টি—উভয় দৃষ্টির সাহায্যেই সকল বিষয়ের তত্ত্বনিরূপণ করতে দেখেছি! সেজন্য দেবভাব ও মনুষ্যভাব, এই দুই ভাবেরই সম্যক বিকাশের পরিচয় পাঠককে দিতে না পারলে এই অলৌকিক চরিত্রের একদেশী ছবিমাত্রই পাঠকের মনে অঙ্কিত হবে। তাই সেই দুই ভাবেই এই দেব-মানবের জীবনালোচনা করাই আমাদের প্রয়াস।
ঠাকুরের মতো দিব্যপুরুষদের তীর্থপর্যটনের কারণ সম্বন্ধে শাস্ত্র কী বলেন
শাস্ত্রদৃষ্টিতে ঠাকুরের তীর্থ-ভ্রমণের আর একটি কারণও পাওয়া যায়। শাস্ত্র বলেন, ঈশ্বরের দর্শনলাভে সিদ্ধকাম পুরুষেরা তীর্থে গিয়ে সেই সব স্থানের তীর্থত্ব সম্পাদন করেন। তাঁরা সেই সব স্থানে ঈশ্বরের বিশেষ দর্শনলাভের জন্য ব্যাকুল অন্তরে আসেন ও অবস্থান করেন বলেই সেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ দেখা দেয়, অথবা সেই ভাবের পূর্বপ্রকাশ আরও অনেক বেড়ে ওঠে এবং সাধারণ মানুষ সেখানে গেলে অতি সহজেই ঈশ্বরের সেই ভাবের কিছু না কিছু উপলব্ধি করে। সিদ্ধ পুরুষদের সম্বন্ধেই যখন শাস্ত্র এ কথা বলেছেন, তখন তাঁদের চেয়ে অনেক বেশি শক্তিমান ঠাকুরের মতো অবতারপুরুষদের তো কথাই নেই! তীর্থ সম্বন্ধে ওই কথাটি ঠাকুর অনেক সময় তাঁর সরল ভাষায় আমাদের বুঝিয়ে বলতেন। বলতেন—“ওরে, যেখানে অনেক লোকে অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে তপ, জপ, ধ্যান, ধারণা, প্রার্থনা, উপাসনা করেছে সেখানে তাঁর প্রকাশ নিশ্চয় আছে, জানবি। তাঁদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবের একটা জমাট বেঁধে গেছে; তাই সেখানে সহজেই ঈশ্বরীয় ভাবের উদ্দীপন ও তাঁর দর্শন হয়। যুগযুগান্তর থেকে কত সাধু, ভক্ত, সিদ্ধপুরুষেরা এই সব তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে, অন্য সব বাসনা ছেড়ে তাঁকে প্রাণ ঢেলে ডেকেছে, সেজন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এই সব স্থানে তাঁর বিশেষ প্রকাশ! যেমন মাটি খুঁড়লে সব জায়গাতেই জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতকো, ডোবা, পুকুর বা হ্রদ আছে সেখানে আর জলের জন্য খুঁড়তে হয় না—যখন ইচ্ছা জল পাওয়া যায়, সেই রকম।”
তীর্থ ও দেবস্থান দেখে ‘জাবর কাটার’ উপদেশ
আবার ঈশ্বরের বিশেষ প্রকাশযুক্ত সেই সব স্থান দর্শনাদি করার পর ঠাকুর আমাদের ‘জাবর কাটতে’ শেখাতেন। বলতেন—“গরু যেমন পেট ভরে জাব খেয়ে নিশ্চিন্ত হয়ে এক জায়গায় বসে সেই সব খাবার উগ্রে ভাল করে চিবাতে বা জাবর কাটতে থাকে, সেই রকম দেবস্থান, তীর্থস্থান দেখবার পর সেখানে যে সব পবিত্র ঈশ্বরীয় ভাব মনে জেগে ওঠে সেই সব নিয়ে একান্তে বসে ভাবতে হয় ও তাইতে ডুবে যেতে হয়; দেখে এসেই সে সব মন থেকে তাড়িয়ে বিষয়ে, রূপ-রসে মন দিতে নাই; তাহলে ঐ ঈশ্বরীয় ভাবগুলি মনে স্থায়ী ফল আনে না।”
কালীঘাটে শ্রীশ্রীজগদম্বাকে দর্শন করতে ঠাকুরের সঙ্গে একবার আমাদের কেউ কেউ গিয়েছিলেন। পীঠস্থানের বিশেষ প্রকাশ এবং ঠাকুরের শরীর-মনে শ্রীশ্রীজগন্মাতার জীবন্ত প্রকাশ, উভয়ে মিলে ভক্তদের প্রাণে যে এক অপূর্ব উল্লাস এনে দিল, তা আর বলতে হবে না। দর্শনাদি করে ফেরার সময় পথের মধ্যে ভক্তদের একজনকে বিশেষ অনুরোধে তাঁর শ্বশুরবাড়িতে যেতে এবং সে রাত সেখানে কাটাতে হল। পরদিন তিনি যখন আবার ঠাকুরের কাছে এলেন, তখন ঠাকুর তাঁকে আগের রাতে কোথায় ছিলেন জিজ্ঞাসা করলেন এবং ওইভাবে শ্বশুরবাড়িতে থাকার কথা শুনে বললেন, “সে কিরে? মাকে দর্শন করে এলি, কোথায় তাঁর দর্শন, তাঁর ভাব নিয়ে জাবর কাটবি, তা না করে রাতটা কিনা বিষয়ীর মতো শ্বশুরবাড়িতে কাটিয়ে এলি? দেবস্থান তীর্থস্থান দর্শনাদি করে এসে সেই সব ভাব নিয়ে থাকতে হয়, জাবর কাটতে হয়, তা নইলে ওসব ঈশ্বরীয় ভাব প্রাণে দাঁড়াবে কেন?”
ভক্তিভাব আগে হৃদয়ে এনে তবে তীর্থে যেতে হয়
আবার ঈশ্বরীয় ভাব ভক্তিভরে হৃদয়ে আগে থেকে পোষণ না করে তীর্থাদিতে গেলে যে বিশেষ ফল পাওয়া যায় না, সে কথাও ঠাকুর অনেকবার আমাদের বলেছেন। তিনি যখন বর্তমান ছিলেন, তখন আমাদের অনেকে অনেক সময়ে তীর্থাদিভ্রমণে যাওয়ার বাসনা প্রকাশ করতেন। তা শুনে তিনি অনেক সময় আমাদের বলেছেন, “ওরে যার হেথায় আছে, তার সেথায় আছে; যার হেথায় নাই, তার সেথায়ও নাই।”[1] আবার বলতেন—“যার প্রাণে ভক্তিভাব আছে, তীর্থে উদ্দীপনা হয়ে তার সেই ভাব আরও বেড়ে যায়; আর যার প্রাণে ঐ ভাব নেই, তার বিশেষ আর কী হবে? অনেক সময়ে শোনা যায়, অমুকের ছেলে কাশীতে বা অন্য কোথায় পালিয়ে গিয়েছে; তারপর আবার শুনতে পাওয়া যায়, সে সেখানে চেষ্টা-বেষ্টা করে একটা চাকরি যোগাড় করে নিয়ে বাড়িতে চিঠি লিখেছে ও টাকা পাঠিয়েছে! তীর্থে বাস করতে গিয়ে কত লোকে সেখানে আবার দোকান-পাট-ব্যবসা ফেঁদে বসে। মথুরের সঙ্গে পশ্চিমে গিয়ে দেখি, এখানেও যা সেখানেও তাই; এখানকার আমগাছ তেঁতুলগাছ বাঁশঝাড়টি যেমন, সেখানকার সেগুলিও তেমনি। তাই দেখে হৃদুকে বলেছিলাম, ‘ওরে হৃদু, এখানে আর তবে কী দেখতে এলুম রে! সেখানেও যা এখানেও তাই! কেবল, মাঠে-ঘাটের বিষ্ঠাগুলো দেখে মনে হয় এখানকার লোকের হজমশক্তিটা ওদেশের লোকের চেয়ে অধিক’!”[2]
স্বামী বিবেকানন্দ বুদ্ধগয়ায় গেলে সেখানে যেতে উৎসুক একজন ভক্তকে ঠাকুর যা বলেন
আগে এক জায়গায় বলেছি, গলরোগের চিকিৎসার জন্য ভক্তেরা ঠাকুরকে প্রথমে কলিকাতায় শ্যামপুকুর পাড়ার একটি ভাড়াবাড়িতে এবং পরে কলিকাতার কিছু উত্তরে অবস্থিত কাশীপুর নামে এক জায়গায় একটি বাগানবাড়িতে এনে রেখেছিলেন। কাশীপুরের বাগানে আসার কয়েক দিন পরেই স্বামী বিবেকানন্দ একদিন কাউকে কিছু না বলে-কয়ে আর দুজন গুরুভাইয়ের সঙ্গে বুদ্ধগয়ায় চলে যান। সে সময় আমাদের ভিতর ভগবান বুদ্ধদেবের অদ্ভুত জীবন এবং সংসারবৈরাগ্য, ত্যাগ ও তপস্যার আলোচনা দিনরাত চলছিল। বাগানবাড়ির নিচের তলার দক্ষিণ দিকের যে ছোট ঘরটিতে আমরা সর্বদা ওঠাবসা করতাম, তার দেওয়ালের গায়ে ‘ললিতবিস্তর’-এর এমন একটি শ্লোক লিখে রাখা হয়েছিল, যাতে বুদ্ধদেবের দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত হয়েছে—যতদিন সত্যলাভ না হয় ততদিন একাসনে বসে ধ্যান-ধারণাদি করব, এতে শরীর যায় যাক। দিনরাত সেই কথাগুলি চোখের সামনে থাকত আর সর্বদা আমাদের মনে করিয়ে দিত, আমাদেরও সত্যস্বরূপ ঈশ্বরকে লাভ করার জন্য তেমনই প্রাণপাত করতে হবে। আমাদেরও –
ইহাসনে শুষ্যতু মে শরীরং ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুৰ্লভাং নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে॥[3]
– করতে হবে। দিনরাত এমন বৈরাগ্যালোচনা করতে করতে স্বামীজী সহসা বুদ্ধগয়ায় চলে গেলেন। কিন্তু কোথায় যাবেন, কবে ফিরবেন সে কথা কাউকে জানালেন না। কাজেই আমাদের কারও কারও মনে হল তিনি বুঝি আর সংসারে ফিরবেন না, আর বুঝি তাঁকে আমরা দেখতে পাব না! পরে সংবাদ পাওয়া গেল, তিনি গৈরিক ধারণ করে বুদ্ধগয়ায় গিয়েছেন। আমাদের সকলের মন তখন থেকে স্বামীজীর প্রতি এতই আকৃষ্ট ছিল যে তাঁকে ছেড়ে একদণ্ড থাকতে বিষম যন্ত্রণা হত, কাজেই মন চঞ্চল হয়ে উঠল, অনেকের অনুক্ষণ ইচ্ছা হতে লাগল, পশ্চিমে স্বামীজীর কাছে চলে যাই। ক্রমে ঠাকুরের কানেও সে কথা উঠল। স্বামী ব্রহ্মানন্দ একদিন একজনের সেখানে যাওয়ার সংকল্প জানতে পেরে ঠাকুরকে তার কথা বলেই দিলেন। ঠাকুর তা শুনে তাকে বললেন—“কেন ভাবছিস? কোথায় যাবে সে (স্বামীজী)? কদিন বাহিরে থাকতে পারবে? দেখ না এল বলে।” তারপর হাসতে হাসতে বললেন—“চার খুঁট ঘুরে আয়, দেখবি কোথাও কিছু (যথার্থ ধর্ম) নেই; যা কিছু আছে সব (নিজের শরীর দেখিয়ে) এইখানে!” ‘এইখানে’ কথাটি ঠাকুর বোধ হয় দুই ভাবে ব্যবহার করেছিলেন—তাঁর নিজের ভিতরে ধর্মভাবের, ঈশ্বরীয় ভাবের এখন যেমন বিশেষ প্রকাশ রয়েছে, তেমন আর কোথাও নেই; অথবা প্রত্যেকের নিজের ভিতরেই ঈশ্বর রয়েছেন; নিজের ভিতর তাঁর প্রতি ভক্তি-ভালোবাসা প্রভৃতি ভাব উদ্দীপিত করতে না পারলে বাইরে নানা জায়গায় ঘুরেও কিছুই লাভ হয় না। ঠাকুরের অনেক কথারই এমন দুই বা তারও বেশি ভাবে অর্থ করা যায়। শুধু ঠাকুরের কেন? জগতে যত অবতারপুরুষ যুগে যুগে জন্মগ্রহণ করেছেন, তাঁদের সকলের কথাতেই এমন বহু ভাব পাওয়া যায় এবং সাধারণ মানুষ যার যেমন অভিরুচি, যার যেমন সংস্কার, সেই সব কথার তেমন অর্থই গ্রহণ করে। যাঁকে সম্বোধন করে ঠাকুর ওই কথাগুলি বললেন, তিনি কিন্তু এক্ষেত্রে সেগুলির প্রথম অর্থই বুঝলেন এবং ঠাকুরের ভিতরে ঈশ্বরীয় ভাবের যেমন প্রকাশ, এমন আর কোথাও নেই, এই দৃঢ় ধারণা নিয়ে নিশ্চিন্ত মনে তাঁর কাছে থাকতে লাগলেন। স্বামী বিবেকানন্দও সত্যিই কয়েক দিন পরেই আবার কাশীপুরে ফিরে এলেন।
‘যার হেথায় আছে, তার সেথায় আছে’
পরম ভক্তিমতী একজন স্ত্রী-ভক্তও এক সময়ে, ঠাকুরের শরীর রক্ষা করার কিছুকাল আগে, শ্রীবৃন্দাবনে গিয়ে কিছুকাল তপস্যাদি করার বাসনা তাঁর কাছে প্রকাশ করেন। ঠাকুর সে সময় তাঁকে হাত নেড়ে বলেছিলেন, “কেন যাবি গো? কী করতে যাবি? যার হেথায় আছে, তার সেথায় আছে—যার হেথায় নাই, তার সেথায়ও নাই।” স্ত্রী-ভক্তটি তখন মনের অনুরাগে ঠাকুরের সে কথা মেনে নিতে না পেরে বিদায় নিলেন। কিন্তু সেবার তীর্থে গিয়ে তিনি কোনো বিশেষ ফল যে লাভ করতে পারেননি, এ কথা আমরা তাঁর কাছে শুনেছি। তার উপর ঠাকুরের সঙ্গেও তাঁর আর সাক্ষাৎ হল না, কারণ এর অল্পকাল পরেই ঠাকুর শরীর-রক্ষা করলেন।
ঠাকুরের সরল মন তীর্থে গিয়ে কী দেখবে ভেবেছিল
ভাবময় ঠাকুর তীর্থে বিশেষ ভাব নিয়ে যে গিয়েছিলেন, এ কথা আমরা তাঁর কাছে বহুবার শুনেছি। তিনি বলতেন, “ভেবেছিলাম, কাশীতে সকলে চব্বিশ ঘণ্টা শিবের ধ্যানে সমাধিতে আছে দেখতে পাব; বৃন্দাবনে সকলে গোবিন্দকে নিয়ে ভাবে প্রেমে বিহ্বল হয়ে রয়েছে দেখব। গিয়ে দেখি সবই বিপরীত!” ঠাকুরের অদৃষ্টপূর্ব সরল মন সব কথা পাঁচ বছরের বালকের মতো সরলভাবে গ্রহণ ও বিশ্বাস করত। আমরা সকল বস্তু ও ব্যক্তিকে সন্দেহের চোখে দেখতেই ছেলেবেলা থেকে সংসারে শিখেছি; আমাদের কুটিল মনে তেমন বিশ্বাসের উদয় কীভাবে হবে? কাউকে কোনো কথা সরল মনে বিশ্বাস করতে দেখলে আমরা তাকে বোকা নির্বোধ বলেই ধরে নিই। ঠাকুরের কাছেই প্রথম শুনলাম, “ওরে, অনেক তপস্যা, অনেক সাধনার ফলে লোকে সরল উদার হয়, সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না; সরল বিশ্বাসীর কাছেই তিনি আপনার স্বরূপ প্রকাশ করেন।” আবার সরল বিশ্বাসী হতে হবে শুনে কেউ পাছে ভেবে বসে বোকা বাঁদর হতে হবে, তাই ঠাকুর বলতেন, “ভক্ত হবি, তা বলে বোকা হবি কেন?” আবার বলতেন, “সর্বদা মনে মনে বিচার করবি—কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা নিত্য কোনটা অনিত্য, আর অনিত্য জিনিসগুলো ত্যাগ করে নিত্য পদার্থে মন রাখবি।”
‘ভক্ত হবি, তা ব’লে বোকা হবি কেন?’ ঠাকুরের যোগানন্দ স্বামীকে এ বিষয়ে উপদেশ
এই দুই রকম কথার সামঞ্জস্য করতে না পেরে আমাদের অনেকে অনেক সময় তাঁর কাছে তিরস্কারও শুনেছে। স্বামী যোগানন্দ তখনও গৃহত্যাগ করেননি। বাড়িতে একখানি কড়ার দরকার ছিল, তাই একদিন বড়বাজারে কিনে আনতে গেলেন। দোকানিকে ধর্মভয় দেখিয়ে বললেন, “দেখ বাপু, ঠিক ঠিক দাম নিয়ে ভাল জিনিস দিও, ফাটা ফুটো না হয়।” দোকানিও ‘আজ্ঞা মশায় তা দেব বই কি’, ইত্যাদি নানা কথা বলে বেছে বেছে তাঁকে একখানি কড়া দিল; তিনি দোকানির কথায় বিশ্বাস করে সেটা আর পরীক্ষা না করেই নিয়ে এলেন; কিন্তু দক্ষিণেশ্বরে এসে দেখলেন, কড়াখানি ফাটা। ঠাকুর সে কথা শুনেই বললেন, “সে কী রে? জিনিসটা আনলি, তা দেখে আনলি নি? দোকানী ব্যবসা করতে বসেছে—সে তো আর ধর্ম করতে বসে নি? তার কথায় বিশ্বাস করে ঠকে এলি? ভক্ত হবি, তা বলে বোকা হবি? লোকে তোকে ঠকিয়ে নেবে? ঠিক ঠিক জিনিস দিলে কি না দেখে তবে দাম দিবি; ওজনে কম দিলে কি না তা দেখে নিবি; আবার যে সব জিনিসের ফাউ পাওয়া যায় সে সব জিনিস কিনতে গিয়ে ফাউটি পর্যন্ত ছেড়ে আসবি নি।” এমন আরও অনেক দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, কিন্তু এ তার স্থান নয়। এখানে আমরা ঠাকুরের অদৃষ্টপূর্ব সরলতার সঙ্গে যে অদ্ভুত বিচারশীলতা ছিল, সে কথাটি শুধু উল্লেখ করেই আগের কথায় ফিরে যাই।
কাশীবাসীদের বিষয়ানুরাগ দেখে ঠাকুর—‘মা, তুই আমাকে এখানে কেন আনলি?’
ঠাকুরের কাছে শুনেছি, এই তীর্থভ্রমণ উপলক্ষে মথুর লক্ষ টাকারও বেশি খরচ করেছিলেন। মথুর কাশীতে এসেই ব্রাহ্মণ পণ্ডিতদের প্রথমে মাধুকরী দেন; পরে একদিন তাঁদের সপরিবারে নিমন্ত্রণ করে এনে পরিতোষ করে খাওয়ান এবং প্রত্যেককে একখানি করে কাপড় ও এক টাকা করে দক্ষিণা দেন; আবার শ্রীবৃন্দাবন দর্শন করে এখানে ফিরে এসে ঠাকুরের আদেশে একদিন ‘কল্পতরু’ হয়ে তৈজস, কাপড়, কম্বল, জুতো প্রভৃতি নিত্য ব্যবহারের দরকারি জিনিসের মধ্যে যে যা চাইল তাকে তা-ই দান করেন। মাধুকরী দেওয়ার দিনেই ব্রাহ্মণ-পণ্ডিতদের মধ্যে বিবাদ-গণ্ডগোল, এমনকি মারামারি পর্যন্ত হয়ে যেতে দেখে ঠাকুরের মনে বিষম বিরাগ জন্মায় এবং বারাণসীতেও সাধারণ মানুষকে অন্য সব জায়গার মতো এভাবে কামকাঞ্চনে রত থাকতে দেখে তাঁর মনে একরকম হতাশ ভাব আসে। তিনি সজলনয়নে শ্রীশ্রীজগদম্বাকে বলেন, “মা, তুই আমাকে এখানে কেন আনলি? এর চেয়ে দক্ষিণেশ্বরে যে আমি ছিলাম ভাল।”
ঠাকুরের ‘স্বর্ণময়ী কাশী’-দর্শন
এভাবে সাধারণের ভিতর বিষয়ানুরাগ প্রবল দেখে ঠাকুর ব্যথিত হলেও এখানে অদ্ভুত দর্শনাদি হওয়ায় শিব-মহিমা এবং কাশীর মাহাত্ম্য সম্বন্ধে তাঁর দৃঢ় ধারণা হয়েছিল। নৌকায় বারাণসীতে প্রবেশ করার সময় থেকেই ঠাকুর ভাব-নয়নে দেখতে থাকেন, শিবপুরী বাস্তবিকই সুবর্ণে নির্মিত—বাস্তবিকই এতে মৃত্তিকা প্রস্তরাদির একান্ত অভাব—বাস্তবিকই যুগ-যুগান্তর ধরে সাধু-ভক্তদের কাঞ্চনতুল্য সমুজ্জ্বল, অমূল্য হৃদয়ের ভাবরাশি স্তরে স্তরে পুঞ্জীকৃত ও ঘনীভূত হয়ে এর বর্তমান আকারে প্রকাশ পেয়েছে। সেই জ্যোতির্ময় ভাবঘন মূর্তিই এর নিত্য সত্য রূপ—আর বাইরে যা দেখা যায় সেটা তারই ছায়ামাত্র।
কাশীকে ‘সুবর্ণ-নির্মিত’ কেন বলে?
স্থূল দৃষ্টি দিয়েও ‘সুবর্ণ-নির্মিত বারাণসী’ কথাটির একটা মোটামুটি অর্থ হৃদয়ঙ্গম করতে বিশেষ চেষ্টার প্রয়োজন হয় না। কাশীর অসংখ্য মন্দির ও সৌধাবলি, কাশীর পাথর-বাঁধানো ক্রোশাধিকব্যাপী গঙ্গাতট ও বিস্তীর্ণ-সোপানাবলি-সমন্বিত অগণিত স্নানের ঘাট, কাশীর প্রস্তর-মণ্ডিত তোরণ-ভূষিত অসংখ্য পথ, পয়ঃ-প্রণালী, বাপী, তড়াগ, কূপ, মঠ ও উদ্যানবাটিকা এবং সর্বোপরি কাশীর ব্রাহ্মণ, বিদ্যার্থী, সাধু ও দরিদ্রদের পোষণের জন্য অসংখ্য অন্নসত্র দেখে কে না বলবে, বহু প্রাচীনকাল থেকে ভারতের সর্বপ্রদেশ মিলিত হয়ে অজস্র সুবর্ণ-বর্ষণেই এ বিচিত্র শিবপুরী নির্মাণ করেছে? ভারতের প্রায় ত্রিশ কোটি হৃদয়ের ভক্তিভাব যে এতকাল ধরে এভাবে এই নগরীতে সমভাবে মিলিত থেকে এর এমন বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এ কথা ভেবে কার মন না স্তম্ভিত হবে? কে না বিপুল ভাবপ্রবাহের অদম্য বেগ দেখে মোহিত হবে এবং তার উৎপত্তিনির্ণয় করতে গিয়ে আত্মহারা হবে? কে না বিস্মিত হয়ে ভক্তিপূর্ণ হৃদয়ে অবনত মস্তকে বলবে—এ সৃষ্টি বাস্তবিকই অতুলনীয়, বাস্তবিকই এ মনুষ্যকৃত নয়, বাস্তবিকই অসহায় জীবের প্রতি দীনশরণ আর্তৈকত্রাণ শ্রীবিশ্বনাথের অপার করুণাই এর জন্ম দিয়েছে এবং তাঁর সাক্ষাৎ শক্তিই শ্রীঅন্নপূর্ণারূপে এখানে চিরাধিষ্ঠিতা থেকে অন্নবিতরণে জীবের অন্নময় ও প্রাণময় এবং আধ্যাত্মিক ভাববিতরণে তার মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় শরীরের পূর্ণ পুষ্টিবিধান করছেন এবং দ্রুতপদে তাকে মুক্তি বা শ্রীবিশ্বনাথের সঙ্গে ঐকাত্ম্যবোধে নিয়ে আসছেন! ভাবমুখে অবস্থিত ঠাকুর এখানে আসামাত্রই যে সেই দিব্য হেমময় ভাবপ্রবাহ শিবপুরীর সর্বত্র ওতপ্রোতভাবে পরিব্যাপ্ত দেখতে পাবেন এবং তারই জমাট প্রকাশ-রূপে এ নগরীকে সুবর্ণময় বলে উপলব্ধি করবেন, এতে আর বিচিত্র কী?
স্বর্ণময় কাশী দেখে সেই স্থান অপবিত্র করতে ঠাকুরের ভয়
প্রকাশশীল পদার্থমাত্রই হিন্দুর নয়নে সত্ত্বগুণ-প্রসূত ও পবিত্র। আলো থেকে পদার্থের প্রকাশ, সেজন্য আলো বা উজ্জ্বলতা আমাদের কাছে পবিত্র; দেবতার কাছে জ্যোৎপ্রদীপ[4] রাখা, দেবদেবীর সামনে দীপ নির্বাণ না করা, এই সব শাস্ত্র-নিয়ম থেকেই আমরা এ কথা বুঝতে পারি। উজ্জ্বলপ্রকাশযুক্ত সুবর্ণাদি পদার্থকে পবিত্র বলে দেখা, শরীরের অধোভাগে সুবর্ণালংকার না পরা—এই সব বিধির উৎপত্তিও বোধ হয় এজন্যই। বারাণসী সর্বদা সুবর্ণময় দেখতে পেয়ে, শৌচাদি করে সুবর্ণকে অপবিত্র করতে হবে ভেবে বালকস্বভাব ঠাকুর প্রথম প্রথম আকুল হয়েছিলেন। তাঁর শ্রীমুখে শুনেছি, এজন্য তিনি মথুরকে বলে পালকির বন্দোবস্ত করে কয়েক দিন অসীর পারে গিয়ে সেখানে (বারাণসীর বাইরে) শৌচাদি সেরে আসতেন। পরে সেই ভাবের বিরাম হলে আর ওরকম করতে হত না।
কাশীতে মরলেই যে জীবের মুক্তি হয়, সে সম্বন্ধে মণিকর্ণিকায় ঠাকুরের দর্শন
কাশীতে আর একটি বিশেষ দর্শনের কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনেছিলাম। বারাণসীর মণিকর্ণিকাদি পঞ্চতীর্থ দর্শন করতে অনেকেই গঙ্গাবক্ষে নৌকায় যান। মথুরও ঠাকুরকে সঙ্গে নিয়ে সেইরকমই গিয়েছিলেন। মণিকর্ণিকার পাশেই কাশীর প্রধান শ্মশানভূমি। মথুরের নৌকা যখন মণিকর্ণিকা ঘাটের সামনে এল তখন দেখা গেল শ্মশান চিতাধূমে ব্যাপ্ত—সেখানে শবদেহ দাহ হচ্ছে। ভাবময় ঠাকুর সহসা সেদিকে দেখেই আনন্দে একেবারে উৎফুল্ল ও রোমাঞ্চিতকলেবর হয়ে নৌকার বাইরে ছুটে এলেন এবং একেবারে কিনারায় দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। মথুরের পাণ্ডা ও নৌকার মাঝি-মাল্লারা লোকটি জলে পড়ে স্রোতে ভেসে যাবে ভেবে ঠাকুরকে ধরতে ছুটল। কিন্তু কাউকে আর ধরতে হল না; দেখা গেল ঠাকুর ধীর স্থির নিশ্চেষ্টভাবে দাঁড়িয়ে আছেন এবং এক অদ্ভুত জ্যোতি ও হাসিতে তাঁর মুখমণ্ডল সমুদ্ভাসিত হয়ে যেন সে স্থানটিকে শুদ্ধ জ্যোতির্ময় করে তুলেছে। ঠাকুরের ভাগনে হৃদয় ও মথুর সাবধানে তাঁর কাছে দাঁড়িয়ে রইলেন, মাঝি-মাল্লারাও দূরে দাঁড়িয়ে বিস্ময়পূর্ণ নয়নে ঠাকুরের অদ্ভুত ভাব নিরীক্ষণ করতে লাগল। কিছুক্ষণ পরে ঠাকুরের সে দিব্য ভাবের বিরাম হলে সকলে মণিকর্ণিকায় নেমে স্নান-দানাদি যা করার করে আবার নৌকায় অন্যত্র গেলেন।
তখন ঠাকুর তাঁর সেই অদ্ভুত দর্শনের কথা মথুর প্রভৃতিকে বলতে লাগলেন। বললেন, “দেখলাম পিঙ্গলবর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদবিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পাশে আসছেন এবং প্রত্যেক দেহীকে সযত্নে তুলে তার কানে তারক-ব্রহ্মমন্ত্র প্রদান করছেন! —সর্বশক্তিময়ী শ্রীশ্রীজগদম্বাও স্বয়ং মহাকালীরূপে জীবের অপর পাশে সেই চিতার উপর বসে তার স্থূল, সূক্ষ্ম, কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার-বন্ধন খুলে দিচ্ছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করে স্বহস্তে তাকে অখণ্ডের ঘরে পাঠাচ্ছেন। বহুকল্পের যোগ-তপস্যায় যে অদ্বৈতানুভবের ভূমানন্দ জীবের লাভ হয়, তা শ্রীবিশ্বনাথ এভাবে তাকে সদ্য সদ্য প্রদান করে কৃতার্থ করছেন।”
মথুরের সঙ্গে যে সব শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন তাঁরা ঠাকুরের সেই দর্শনের কথা শুনে বলেছিলেন—“কাশীখণ্ডে মোটামুটিভাবে লেখা আছে, এখানে মৃত্যু হলে ৺বিশ্বনাথ জীবকে নির্বাণপদবি দেন; কিন্তু কীভাবে যে সেটা দেন তা সবিস্তার লেখা নেই। আপনার দর্শনেই স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা কীভাবে সম্পাদিত হয়। আপনার দর্শনাদি শাস্ত্রে লিপিবদ্ধ কথাকেও ছাড়িয়ে যায়।”
ঠাকুরের ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন
কাশীতে থাকার সময় ঠাকুর এখানকার খ্যাতনামা সাধুদেরও দর্শন করতে যান। তাঁদের মধ্যে ত্রৈলঙ্গ স্বামীজীকে দেখেই তাঁর বিশেষ প্রীতি হয়েছিল। স্বামীজীর অনেক কথা ঠাকুর অনেক সময় আমাদের বলতেন। বলতেন, “দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তাঁর শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন! তাঁর থাকায় কাশী উজ্জ্বল হয়ে রয়েছে! উঁচু জ্ঞানের অবস্থা! শরীরের কোন হুঁশই নেই; রোদে বালি এমনি তেতেছে যে পা দেয় কার সাধ্য—সেই বালির ওপরেই সুখে শুয়ে আছেন! পায়েস রেঁধে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছিলাম। তখন কথা কন না—মৌনী। ইশারায় জিজ্ঞাসা করেছিলাম, ‘ঈশ্বর এক না অনেক?’ তাতে ইশারা করে বুঝিয়ে দিলেন—‘সমাধিস্থ হয়ে দেখ তো এক; নইলে যতক্ষণ আমি, তুমি, জীব, জগৎ ইত্যাদি নানা জ্ঞান রয়েছে ততক্ষণ অনেক।’ তাঁকে দেখিয়ে হৃদেকে বলেছিলাম, ‘একেই ঠিক ঠিক পরমহংস অবস্থা বলে’।”
শ্রীবৃন্দাবনে ‘বাঁকাবিহারী’-মূর্তি ও ব্রজ-দর্শনে ঠাকুরের ভাব
কাশীতে কিছুকাল থাকার পর ঠাকুর মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে যান। শুনেছি, বাঁকাবিহারী মূর্তি দর্শন করে সেখানে তাঁর অদ্ভুত ভাবাবেশ হয়েছিল—আত্মহারা হয়ে তাঁকে আলিঙ্গন করতে ছুটে গিয়েছিলেন! আবার সন্ধ্যায় রাখাল বালকেরা গরুর পাল নিয়ে যমুনা পার হয়ে গোষ্ঠ থেকে ফিরছে, তা দেখতে দেখতে তাদের ভিতর শিখিপুচ্ছধারী নবনীরদশ্যাম গোপালকৃষ্ণের দর্শনলাভ করে তিনি প্রেমে বিভোর হয়েছিলেন। ঠাকুর এখানে নিধুবন, গোবর্ধন প্রভৃতি ব্রজের কয়েকটি স্থানও দর্শন করতে যান। ব্রজের এই সব স্থান বৃন্দাবনের চেয়ে তাঁর বেশি ভালো লেগেছিল এবং ব্রজেশ্বরী শ্রীরাধা ও শ্রীকৃষ্ণকে নানাভাবে দর্শন করে এই সব স্থানেই তাঁর বিশেষ প্রেমের উদয় হয়েছিল। শুনেছি, গোবর্ধনাদি দর্শন করতে যাওয়ার সময় মথুর তাঁকে পালকিতে পাঠিয়ে দেন এবং দেবস্থানে ও দরিদ্রদের দান করতে করতে যাবেন বলে পালকির এক পাশে একখানি কাপড় বিছিয়ে তার উপর টাকা আধুলি সিকি দু-আনি ইত্যাদি কাঁড়ি করে ঢেলে দিয়েছিলেন; কিন্তু সেই সব স্থানে যেতে যেতেই ঠাকুর ভাবে প্রেমে এত বিহ্বল হয়ে পড়েন যে সেগুলি আর হাতে করে তুলে দান করতে পারেননি! অগত্যা সেই কাপড়ের এক কোণ ধরে টেনে সেগুলি স্থানে স্থানে দরিদ্রদের ভিতর ছড়াতে ছড়াতে গিয়েছিলেন।
ব্রজে ঠাকুরের বিশেষ প্রীতি
ব্রজের এই সব স্থানে ঠাকুর সংসারবিরাগী অনেক সাধককে কুপের[5] ভিতর পিছন ফিরে বসে বাইরের সব বিষয় থেকে দৃষ্টি ফিরিয়ে জপ-ধ্যানে নিমগ্ন থাকতে দেখেছিলেন। ব্রজের প্রাকৃতিক শোভা, ফল-ফুলে শোভিত ক্ষুদ্র গিরি-গোবর্ধন, মৃগ ও শিখিকুলের বনের মধ্যে যেখানে সেখানে নিঃশঙ্ক বিচরণ, সাধু-তপস্বীদের নিরন্তর ঈশ্বরের চিন্তায় দিনযাপন এবং সরল ব্রজবাসীদের কপটতাশূন্য সশ্রদ্ধ ব্যবহার ঠাকুরের চিত্ত বিশেষভাবে আকৃষ্ট করেছিল; তার উপর নিধুবনে সিদ্ধপ্রেমিকা বর্ষীয়সী তপস্বিনী গঙ্গামাতার দর্শন ও মধুর সঙ্গ লাভ করে ঠাকুর এতই মোহিত হয়েছিলেন যে, তাঁর মনে হয়েছিল ব্রজ ছেড়ে তিনি আর কোথাও যাবেন না; এখানেই জীবনের অবশিষ্ট কাল কাটিয়ে দেবেন।
নিধুবনের গঙ্গামাতা; ঠাকুরের সেখানে থাকার ইচ্ছা; পরে বুড়ো মার সেবা কে করবে ভেবে কলিকাতায় ফেরা
গঙ্গামাতার বয়স তখন প্রায় ষাট বছর হবে। বহুকাল ধরে ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাঁর প্রেমবিহ্বল ব্যবহার দেখে এখানকার লোকে মনে করত, ইনিই শ্রীরাধার প্রধানা সঙ্গিনী ললিতা সখী, কোনো এক কারণে স্বয়ং দেহ ধারণ করে জীবকে প্রেমশিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, ইনি দর্শনমাত্রই ধরতে পেরেছিলেন, ঠাকুরের শরীরে শ্রীমতী রাধিকার মতো মহাভাবের প্রকাশ, এবং সেজন্য ইনি ঠাকুরকে শ্রীমতী রাধিকাই স্বয়ং অবতীর্ণা ভেবে ‘দুলালী’ বলে সম্বোধন করেছিলেন। ‘দুলালী’র এমন অযত্ন-লভ্য দর্শন পেয়ে গঙ্গামাতা নিজেকে ধন্য জ্ঞান করেছিলেন এবং ভেবেছিলেন তাঁর এতকালের হৃদয়ের সেবা ও ভালোবাসা আজ সফল হল! ঠাকুরও তাঁকে পেয়ে চিরপরিচিতের মতো তাঁরই আশ্রমে সব কথা ভুলে কিছুকাল ছিলেন। শুনেছি, এঁরা দুজনে পরস্পরের প্রেমে এতই মোহিত হয়েছিলেন যে, মথুর প্রভৃতির মনে ভয় হয়েছিল ঠাকুর বুঝি আর তাঁদের সঙ্গে দক্ষিণেশ্বরে ফিরবেন না! পরম অনুগত মথুরের মন এ ভাবনায় যে কেমন আকুল হয়েছিল তা আমরা বেশ অনুমান করতে পারি। যা হোক, ঠাকুরের মাতৃভক্তিই শেষ পর্যন্ত জয়লাভ করল এবং তাঁর ব্রজে থাকার সংকল্প বদলে দিল। ঠাকুর এ সম্বন্ধে আমাদের বলেছিলেন, “ব্রজে গিয়ে সব ভুল হয়ে গিয়েছিল। মনে হয়েছিল আর ফিরব না। কিন্তু কিছুদিন বাদে মার কথা মনে পড়ল, মনে হলো তাঁর কত কষ্ট হবে, কে তাঁকে বুড়ো বয়সে দেখবে, সেবা করবে। ঐ কথা মনে উঠায় আর সেখানে থাকতে পারলুম না।”
ঠাকুরের জীবনে পরস্পরবিরুদ্ধ ভাব ও গুণগুলির অপূর্ব সম্মিলন; সন্ন্যাসী হয়েও ঠাকুরের মাতৃসেবা
বাস্তবিক যতই ভেবে দেখা যায়, এই অলৌকিক পুরুষের সব কথা ও আচরণ ততই অদ্ভুত বলে মনে হয়, ততই এঁর মধ্যে আপাতদৃষ্টিতে পরস্পরবিরুদ্ধ গুণগুলির অপূর্ব সম্মিলন দেখে মুগ্ধ হতে হয়। দেখো না, শ্রীশ্রীজগদম্বার পাদপদ্মে শরীর-মন সর্বস্ব অর্পণ করলেও ঠাকুর সত্যটি তাঁকে দিতে পারলেন না, জগতের সকল ব্যক্তির সঙ্গে লৌকিক সম্বন্ধ ত্যাগ করেও নিজের জননীর প্রতি ভালোবাসা ও কর্তব্যটি ভুলতে পারলেন না, পত্নীর সঙ্গে শারীরিক সম্বন্ধের নামগন্ধ কোনোকালে না রাখলেও গুরুভাবে তাঁর সঙ্গে সর্বকালে সপ্রেম সম্বন্ধ রাখতে ভুললেন না; ঠাকুরের এমন অলৌকিক আচরণের কতই না দৃষ্টান্ত দেওয়া যেতে পারে! পূর্ব পূর্ব যুগের কোন আচার্য বা অবতারপুরুষের জীবনে এমন অদ্ভুত বিপরীত আচরণের একত্র সমাবেশ ও সামঞ্জস্য দেখতে পাওয়া যায়? কে না বলবে, এমনটি আর কখনও কোথাও দেখা যায়নি? ঈশ্বরাবতার বলে এঁকে ধারণা করুক আর নাই করুক, কে না স্বীকার করবে, এমন দৃষ্টান্ত আধ্যাত্মিক জগতে আর একটিও খুঁজে পাওয়া যায় না? ঠাকুরের বর্ষীয়সী মাতাঠাকুরানী জীবনের শেষ কয়েক বছর দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছেই বাস করতেন এবং ঠাকুর নিজের হাতে নিত্য তাঁর সবরকম সেবা-শুশ্রূষা করে নিজেকে কৃতার্থ জ্ঞান করতেন—এ কথা আমরা ঠাকুরের শ্রীমুখে বহুবার শুনেছি। আবার সেই আরাধ্যা মাতার যখন দেহান্ত হল তখন ঠাকুরকে শোকসন্তপ্ত হয়ে এতই কাতর হতে ও অজস্র অশ্রুবর্ষণ করতে দেখা গিয়েছিল যে, সংসারে কদাচিৎ কাউকে তেমন করতে দেখা যায়! মাতৃবিয়োগে এত কাতর হলেও ঠাকুর কিন্তু এ কথা এক ক্ষণের জন্যও ভোলেননি যে, তিনি সন্ন্যাসী। সন্ন্যাসী হওয়ায় মাতার ঔর্ধ্বদেহিক ও শ্রাদ্ধাদি করার অধিকার নিজের নেই বলে ভাইপো রামলালকে দিয়ে তা সম্পন্ন করিয়েছিলেন এবং নিজে বিজনে বসে মাতার জন্য কেঁদেই মাতৃঋণ যথাসম্ভব পরিশোধ করেছিলেন। এ সম্বন্ধে ঠাকুর আমাদের কতদিন বলেছিলেন, “ওরে, সংসারে বাপ মা পরম গুরু; যতদিন বেঁচে আছেন যথাশক্তি উঁহাদের সেবা করতে হয়, আর মরে গেলে যথাসাধ্য শ্রাদ্ধ করতে হয়; যে দরিদ্র, কিছু নেই, শ্রাদ্ধ করবার ক্ষমতা নেই, তাকেও বনে গিয়ে তাঁদের স্মরণ করে কাঁদতে হয়; তবে তাঁদের ঋণশোধ হয়! কেবলমাত্র ঈশ্বরের জন্য বাপ মার আজ্ঞা লঙ্ঘন করা চলে, তাতে দোষ হয় না; যেমন প্রহ্লাদ বাপ বললেও কৃষ্ণনাম নিতে ছাড়েনি; এমনকি, ধ্রুব মা বারণ করলেও তপস্যা করতে বনে গিয়েছিলেন; তাতে তাঁদের দোষ হয়নি।” এভাবে ঠাকুরের মাতৃভক্তির ভিতর দিয়েও গুরুভাবের অদ্ভুত বিকাশ ও লোকশিক্ষা দেখে আমরা ধন্য হয়েছি।
সমাধিস্থ হয়ে শরীরত্যাগ হবে ভেবে ঠাকুরের গয়াধামে যেতে অস্বীকার; এমন ভাবের কারণ কী?
গঙ্গামাতার কাছ থেকে কষ্টে বিদায় নিয়ে ঠাকুর মথুরের সঙ্গে আবার কাশীতে ফিরে আসেন। আমরা শুনেছি, কয়েক দিন সেখানে থাকার পরে দীপান্বিতা অমাবস্যার দিনে শ্রীশ্রীঅন্নপূর্ণা দেবীর সুবর্ণপ্রতিমা দর্শন করে ঠাকুর ভাবে প্রেমে মোহিত হয়েছিলেন। কাশী থেকে মথুরের গয়াধামে যাওয়ার ইচ্ছা হয়েছিল। কিন্তু ঠাকুর সেখানে যেতে অমত করলে মথুর সে সংকল্প ছেড়ে দেন। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, ঠাকুরের পিতা গয়াধামে এসেই, ঠাকুর যে তাঁর গৃহে জন্মগ্রহণ করবেন, এ কথা স্বপ্নে জানতে পেরেছিলেন এবং এজন্যই জন্মের পর তাঁর নাম গদাধর রেখেছিলেন। গয়াধামে গদাধরের পাদপদ্মদর্শনে প্রেমে বিহ্বল হয়ে, তাঁর থেকে পৃথকভাবে নিজে যে শরীর ধারণ করেছেন, সে কথা পাছে একেবারে ভুলে যান এবং তাঁর সঙ্গে চিরকালের জন্য পুনরায় মিলিত হন—এই ভয়েই ঠাকুর যে তখন মথুরের সঙ্গে গয়ায় যেতে অমত করেছিলেন, এ কথাও তিনি কখনও কখনও আমাদের বলেছেন। ঠাকুরের ধ্রুব ধারণা ছিল, যিনিই পূর্ব পূর্ব যুগে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং শ্রীগৌরাঙ্গ প্রভৃতি রূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনিই এখন তাঁর শরীর আশ্রয় করে ধরায় এসেছেন। সেজন্য, পিতার সেই স্বপ্ন থেকে যাকে নিজের বর্তমান শরীর-মনের উৎপত্তিস্থল বলে জেনেছিলেন সেই গয়াধাম, এবং অন্য অবতারপুরুষেরা যেসব স্থানে লীলাসংবরণ করেছিলেন সেই সব স্থান দর্শন করতে যাওয়ার কথায় তাঁর মনে কেমন একটা অব্যক্ত ভাবের সঞ্চার হতে দেখেছি। ঠাকুর বলতেন, সেই সব স্থানে গেলে তাঁর শরীর থাকবে না, এমন গভীর সমাধিস্থ হবেন যে তা থেকে তাঁর মন আর নিচে মনুষ্যলোকে ফিরে আসবে না! কারণ শ্রীগৌরাঙ্গদেবের লীলাসংবরণ-স্থল নীলাচল বা ৺পুরীধামে যাওয়ার কথাতেও ঠাকুর তেমন ভাব অন্য সময়ে প্রকাশ করেছিলেন। শুধু তাঁর নিজের সম্বন্ধে কেন, ভক্তদের কাউকে যদি তিনি ভাব-নয়নে কোনো বিশেষ দেবতার অংশ বা বিকাশ বলে বুঝতে পারতেন তবে সেই দেবতার বিশেষ লীলাস্থলে যাওয়ার কথায় সেই ভক্তের সম্বন্ধেও তেমন ভাব প্রকাশ করে তাকে সেখানে যেতে নিষেধ করতেন। ঠাকুরের এই ভাবটি পাঠককে বোঝানো দুরূহ। একে ‘ভয়’ বলা যুক্তিসংগত নয়; কারণ সাধারণ সমাধিমান পুরুষেরাই যখন জীবৎকালেই অনুভব করেন, দেহী মৃত্যুকালে কীভাবে শরীরটা ছেড়ে যায়, এবং মৃত্যুকে কৌমার যৌবনাদি দেহের পরিবর্তনগুলির মতো একটা পরিবর্তন বলে দেখতে পেয়ে নির্ভয় হন, তখন ইচ্ছা করলেই যাঁরা গভীর সমাধিতে ডুবে যেতে পারেন, সেই অবতারপুরুষেরা যে একেবারে অভীঃ মৃত্যুঞ্জয় হন, এতে আর বিচিত্র কী? একে সাধারণ মানুষের মতো শরীরটা রক্ষা করার বা বাঁচার আগ্রহও বলতে পারি না। কারণ, সাধারণ মানুষ যে এমন আগ্রহ প্রকাশ করে, সেটা স্বার্থসুখ বা ভোগের জন্য। কিন্তু যাঁদের মন থেকে স্বার্থপরতা চিরকালের মতো ধুয়ে-মুছে গেছে তাঁদের সম্বন্ধে আর ও কথা খাটে না। তবে ঠাকুরের মনের এই ভাব আমরা কেমন করে বোঝাব? আমাদের মনে যেসব ভাব ওঠে, আমাদের অভিধানে সেগুলিই বোঝাবার, প্রকাশ করবার উপযোগী শব্দ পাওয়া যায়। ঠাকুরের মতো মহাপুরুষদের মনের অত্যুচ্চ দিব্য ভাবগুলি প্রকাশ করার সামর্থ্য সেসব শব্দের কোথায়? অতএব হে পাঠক, এখানে তর্কবুদ্ধি ছেড়ে দিয়ে ঠাকুর সেই সব বিষয় যেভাবে বলে যেতেন তা বিশ্বাসের সঙ্গে শুনে যাওয়া এবং কল্পনার সাহায্যে সেই উচ্চ ভাবের যথাসম্ভব ছবি মনে আঁকার চেষ্টা করা ছাড়া আমাদের আর গত্যন্তর নেই।
কার্য-পদার্থের কারণ-পদার্থে লয় হওয়াই নিয়ম
ঠাকুর বলতেন এবং শাস্ত্রেও এর নানা দৃষ্টান্ত পাওয়া যায়, যে প্রকাশ যেখান থেকে বা যে বস্তু বা ব্যক্তি থেকে উৎপন্ন হয়, সেই প্রকাশ পুনরায় সেই স্থানে বা সেই বস্তু বা ব্যক্তির অতি সমীপে এলে তাতেই লয় হয়ে যায়। ব্রহ্ম থেকে জীবের উৎপত্তি বা প্রকাশ; সেই জীব আবার জ্ঞানলাভ করে তাঁর সমীপে এলেই তাঁতে লীন হয়ে যায়! অনন্ত মন থেকে তোমার আমার ও সকলের ক্ষুদ্র ব্যক্তিগত মনের উৎপত্তি বা প্রকাশ; আমাদের ভিতর কারও সেই ক্ষুদ্র মন নির্লিপ্ততা, করুণা, পবিত্রতা প্রভৃতি সদ্গুণ বাড়াতে বাড়াতে সেই অনন্ত মনের সমীপে এলে বা তার সদৃশ হলেই তাতে লীন হয়ে যায়। স্থূল জগতেও এটাই নিয়ম। সূর্য থেকে পৃথিবীর বিকাশ; সেই পৃথিবী আবার কোনোভাবে সূর্যের সমীপে এলেই তাতে লীন হয়ে যাবে। অতএব বুঝতে হবে, ঠাকুরের এমন ধারণার তলায় আমাদের অজ্ঞাত কী একটা বিশেষ ভাব আছে; এবং বাস্তবিক যদি ৺গদাধর বলে কোনো বিশেষ বস্তু বা ব্যক্তি থাকেন এবং ঠাকুরের শরীর-মনটার উৎপত্তি ও বিকাশ তাঁর থেকে কোনো কারণে হয়ে থাকে, তবে সেই দুই পদার্থ পুনরায় কাছাকাছি এলে যে পরস্পরের প্রতি প্রেমে আকৃষ্ট হয়ে মিলিত হবে, এ কথায় যুক্তিবিরুদ্ধই বা কী আছে?
অবতারপুরুষদের জীবন-রহস্যের মীমাংসা করতে কর্মবাদ সক্ষম নয়; তার কারণ
অবতারপুরুষেরা যে সাধারণ জীবের মতো নন, এ কথা আর যুক্তিতর্ক দিয়ে বোঝাতে হয় না। তাঁদের ভিতর অচিন্ত্য কল্পনাতীত শক্তিপ্রকাশ দেখেই জীব অবনত মস্তকে তাঁদের কাছে হৃদয়ের পূজা নিবেদন করে ও তাঁদের শরণ গ্রহণ করে। মহর্ষি কপিলাদি ভারতের তীক্ষ্ণদৃষ্টিসম্পন্ন দার্শনিকেরা এমন অদৃষ্টপূর্ব শক্তিমান পুরুষদের জীবনরহস্য ভেদ করার অশেষ চেষ্টা করেছেন। কী কারণে এঁদের ভিতর দিয়ে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিপ্রকাশ হয়, তা নির্ণয় করতে গিয়ে তাঁরা প্রথমেই দেখলেন, সাধারণ কর্মবাদ এর মীমাংসা করতে সম্পূর্ণ অক্ষম। কারণ, সাধারণ মানুষ শুভাশুভ যে কর্মই করে, স্বার্থসুখের অন্বেষণেই করে। কিন্তু এঁদের কাজের আলোচনা করলে দেখা যায়, সে উদ্দেশ্যের একান্ত অভাব। পরের দুঃখমোচনের বাসনাই এঁদের ভিতর অদম্য উৎসাহ জাগিয়ে এঁদের কাজে চালিত করে এবং সেই বাসনার সামনে এঁরা নিজেদের সমস্ত ভোগসুখ একেবারে বলি দেন। আবার পার্থিব মানযশলাভ যে সেই বাসনার মূলে রয়েছে, তাও দেখা যায় না। কারণ লোকৈষণা, পার্থিব মানযশ এঁরা কাকবিষ্ঠার মতো একেবারে পরিত্যাগ করেন। দেখো না, নর ও নারায়ণ ঋষিদ্বয় বহুকাল বদরিকাশ্রমে তপস্যায় কাটালেন, জগতের কল্যাণের উপায় নির্ধারণের জন্য। শ্রীরামচন্দ্র প্রাণের প্রতিমা সীতাকে পর্যন্ত ত্যাগ করলেন প্রজাদের কল্যাণের জন্য। শ্রীকৃষ্ণ প্রত্যেকটি কাজ করলেন সত্য ও ধর্মের প্রতিষ্ঠার জন্য। বুদ্ধদেব রাজ্যসম্পদ ত্যাগ করলেন জন্ম-জরা-মরণাদি দুঃখের হাত থেকে জীবকে উদ্ধার করবেন বলে। ঈশা প্রাণ দিলেন দুঃখশোকাকুল পৃথিবীতে প্রেম-স্বরূপ পরমপিতার প্রেমের রাজ্য স্থাপনের জন্য। মহম্মদ অধর্মের বিরুদ্ধেই তরবারি ধারণ করলেন। শঙ্কর নিজের শক্তি নিয়োগ করলেন জীবকে এ কথা বোঝাতেই যে, অদ্বৈতানুভবেই যথার্থ শান্তি; এবং শ্রীচৈতন্য, একমাত্র শ্রীহরির নামেই জীবের কল্যাণকারী সমস্ত শক্তি নিহিত রয়েছে জেনে, সংসারের ভোগসুখে জলাঞ্জলি দিয়ে উদ্দাম তাণ্ডবে হরিনাম-প্রচারেই জীবন উৎসর্গ করলেন। কোন স্বার্থ এঁদের সেই সব কাজে চালিত করেছিল? কোন আত্মসুখ-লাভের জন্য এঁরা জীবনে এত কষ্ট স্বীকার করে গেছেন?
মুক্তাত্মার শাস্ত্রনির্দিষ্ট লক্ষণগুলি অবতারপুরুষে বাল্যকাল থেকে প্রকাশ পেতে দেখে দার্শনিকদের মীমাংসা; সাংখ্য-মতে তাঁরা ‘প্রকৃতি-লীন’-শ্রেণিভুক্ত
দার্শনিকেরা আরও দেখলেন, অসাধারণ মানসিক অনুভবে মুক্তপুরুষদের শরীরে যে সমস্ত লক্ষণ দেখা দেয় বলে তাঁরা শাস্ত্র দেখে স্বীকার করেন, সে সমস্তও এঁদের জীবনে বিশেষভাবে বিকশিত। কাজেই সেই সব পুরুষকে বাধ্য হয়েই এক নতুন শ্রেণির অন্তর্গত করতে হল। সাংখ্যকার কপিল বললেন, এঁদের ভিতর এক প্রকার মহদুদার লোকৈষণা বা লোককল্যাণ-বাসনা থাকে। সেজন্য এঁরা পূর্ব পূর্ব জন্মের তপস্যার প্রভাবে মুক্ত হয়েও নির্বাণপদবিতে অবস্থান করেন না—প্রকৃতিতে লীন হয়ে থাকেন, বা প্রকৃতিগত সমস্ত শক্তিই তাঁদের শক্তি, এই বোধে এক কল্পকাল অবস্থান করেন; এবং এজন্যই এঁদের মধ্যে যিনি যে কল্পে তেমন শক্তিসম্পন্ন বলে নিজেকে অনুভব করেন, তাঁকেই সে কল্পে সাধারণ মানব ঈশ্বর বলে মনে করে। কারণ প্রকৃতির ভিতর যত কিছু শক্তি আছে সে সমস্তই আমার বলে যাঁর বোধ হবে তিনি সে সমস্ত শক্তিই ইচ্ছামতো প্রয়োগ ও সংহার করতে পারবেন। আমাদের প্রত্যেকের ক্ষুদ্র শরীর-মনে প্রকৃতির যেসব শক্তি রয়েছে সেগুলিকে আমার বলে বোধ করছি বলেই আমরা যেমন সেগুলি ব্যবহার করতে পারছি, তাঁরাও তেমনই প্রকৃতির সমস্ত শক্তিকে নিজেদের বলে বোধ করার ফলে সে সমস্তই ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। সাংখ্যকার কপিল এভাবে সর্বকালব্যাপী এক নিত্য ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করলেও এককল্পব্যাপী সর্বশক্তিমান পুরুষদের অস্তিত্ব স্বীকার করে তাঁদের ‘প্রকৃতিলীন’ আখ্যা দিয়েছেন।
বেদান্ত বলেন, তাঁরা ‘আধিকারিক’ এবং এই শ্রেণির পুরুষদের দুই বিভাগ আছে—ঈশ্বরাবতার ও নিত্যমুক্ত ঈশ্বরকোটি
বেদান্তকার আবার একমাত্র ঈশ্বরপুরুষের নিত্য অস্তিত্ব স্বীকার করে এবং তিনিই জীব ও জগৎরূপে প্রকাশিত রয়েছেন বলে সেই সব বিশেষ শক্তিমান পুরুষকে নিত্য-শুদ্ধ-বুদ্ধ-মুক্ত-স্বভাব ঈশ্বরের বিশেষ অংশসম্ভূত বলে স্বীকার করেছেন। শুধু তাই নয়, এমন পুরুষেরা লোককল্যাণকর এক একটি বিশেষ কাজের জন্যই আবশ্যকমতো জন্মগ্রহণ করেন এবং সেই কাজের উপযোগী শক্তিসম্পন্নও হয়ে আসেন দেখে এঁদের ‘আধিকারিক’ নাম দিয়েছেন। ‘আধিকারিক’ অর্থাৎ যিনি কোনো একটি বিশেষ কাজের অধিকার, বা সেই কাজটি সম্পন্ন করার ভার ও ক্ষমতা পেয়েছেন। এমন পুরুষদের মধ্যেও আবার উচ্চাবচ শক্তির প্রকাশ দেখে এবং এঁদের কারও কাজ সমগ্র পৃথিবীর সকল লোকের সর্বকালের কল্যাণের জন্য ও কারও কাজ একটি প্রদেশের বা তার অন্তর্গত একটি দেশের লোকের কল্যাণের জন্য অনুষ্ঠিত হয় দেখে বেদান্তকার আবার এই সব পুরুষের ভিতর কয়েকজনকে ঈশ্বরাবতার এবং কয়েকজনকে সামান্য-অধিকারপ্রাপ্ত নিত্যমুক্ত ঈশ্বরকোটি পুরুষশ্রেণির বলে স্বীকার করে গেছেন। বেদান্তকারের এই মতকে ভিত্তি করেই পুরাণকারেরা পরে কল্পনার সাহায্যে অবতার-পুরুষদের মধ্যে কে কতটা ঈশ্বরের অংশসম্ভূত, তা নির্ধারণ করতে গিয়ে সেই চেষ্টায় একটু বাড়াবাড়ি করে বসেছেন এবং ভাগবতকার– এতে চাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্। —১।৩।২৮ ইত্যাদি বচন প্রয়োগ করেছেন।
আমরা এর আগে পাঠককে এক জায়গায় বোঝাতে চেষ্টা করেছি যে গুরুভাবটি স্বয়ং ঈশ্বরেরই ভাব। অজ্ঞানমোহে পতিত জীবকে সেই মোহের পারে নিজে যেতে অক্ষম দেখে তিনিই অপার করুণায় তাকে তা থেকে উদ্ধার করতে আগ্রহী হন। ঈশ্বরের সেই করুণাপূর্ণ আগ্রহ এবং সেই ভাবাপন্ন হয়ে তিনি যত চেষ্টা করেন, তা-ই শ্রীগুরু ও গুরুভাব। সাধারণ মানবের ধরতে বুঝতে সুবিধা হবে বলে সেই গুরুভাব আবহমানকাল থেকে কখনও কখনও বিশেষ বিশেষ নরাকারে আমাদের কাছে প্রকাশিত হয়ে আসছে। সেই সব পুরুষকেই জগৎ অবতার বলে পূজা করছে। অতএব বোঝা যাচ্ছে, অবতারপুরুষেরাই মানবসাধারণের যথার্থ গুরু।
আধিকারিক পুরুষদের শরীর-মন সাধারণ মানুষের থেকে ভিন্ন উপাদানে গঠিত; সেজন্য তাঁদের সংকল্প ও কাজ সাধারণের থেকে বিভিন্ন ও বিচিত্র
আধিকারিক পুরুষদের শরীর-মন সেজন্য এমন উপাদানে গঠিত বলে দেখা যায় যে, তাতে ঐশ্বরিক ভাব-প্রেম ও উচ্চাঙ্গের শক্তিপ্রকাশ ধারণ ও হজম করার সামর্থ্য থাকে। জীব এতটুকু আধ্যাত্মিক শক্তি ও লোকমান্য পেলেই অহংকারী ও আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে; আধিকারিক পুরুষেরা সেই সব শক্তি তার চেয়ে সহস্র সহস্র গুণ বেশি পেলেও কিছুমাত্র বিচলিত বা বুদ্ধিভ্রষ্ট ও অহংকারী হন না। জীব সকল প্রকার বন্ধন থেকে বিমুক্ত হয়ে সমাধিতে আত্মানুভবের পরম আনন্দ একবার কোনোভাবে পেলে আর সংসারে কোনো কারণেই ফিরতে চায় না; আধিকারিক পুরুষেরা জীবনে সে আনন্দ যেই অনুভব করেন, অমনি তাঁদের মনে হয়, অপর সকলকে কী উপায়ে এ আনন্দের ভাগী করতে পারি। ঈশ্বর-দর্শনের পরে জীবের আর কোনো কাজই থাকে না। আধিকারিক পুরুষেরা সেই দর্শনলাভের পরেই, যে বিশেষ কাজ করার জন্য তাঁরা এসেছেন তা ধরতে বুঝতে পারেন এবং সেই কাজ করতে আরম্ভ করেন। সেজন্য আধিকারিক পুরুষদের সম্বন্ধে নিয়মই এই, যে বিশেষ কাজ করতে তাঁরা এসেছেন তা যতদিন না সমাপ্ত করেন, ততদিন পর্যন্ত তাঁদের মনে সাধারণ মুক্তপুরুষদের মতো ‘শরীরটা এখনি যায় যাক, ক্ষতি নাই’, এমন ভাবের উদয় কখনও হয় না—মনুষ্যলোকে বেঁচে থাকার আগ্রহই দেখা যায়। কিন্তু তাঁদের এই আগ্রহ ও জীবের বেঁচে থাকার আগ্রহের মধ্যে আকাশ-পাতাল প্রভেদ রয়েছে। আবার কাজ শেষ হলেই আধিকারিক পুরুষ তা তৎক্ষণাৎ বুঝতে পারেন এবং আর তিলার্ধও সংসারে না থেকে পরম আনন্দে সমাধিতে দেহত্যাগ করেন। জীবের পক্ষে ইচ্ছা করলেই সমাধিতে শরীরত্যাগ তো দূরের কথা—জীবনের কাজ যে শেষ হয়েছে এমন উপলব্ধিই হয় না, এ জীবনে অনেক বাসনা পূর্ণ হল না, এই উপলব্ধিই হয়। অন্য সব বিষয়েও তেমনই প্রভেদ থাকে। সেইজন্যই আমাদের মাপকাঠিতে অবতার বা আধিকারিক পুরুষদের জীবন ও কাজের উদ্দেশ্য মাপতে গিয়ে আমাদের বিষম ভ্রমে পড়তে হয়।
‘গয়ায় গেলে শরীর থাকবে না’, ‘জগন্নাথে গেলে চিরসমাধিস্থ হবেন’—ঠাকুরের এই কথাগুলির ভাব সামান্যও হৃদয়ঙ্গম করতে হলে শাস্ত্রের সেই কথাগুলি পাঠকের কিছু কিছু জানা আবশ্যক। এজন্যই আমরা যত সহজে পারি সংক্ষেপে এখানে সেগুলির আলোচনা করলাম। ঠাকুরের কোনো ভাবই যে শাস্ত্রবিরুদ্ধ নয়, উপরের আলোচনা থেকে পাঠক এটাও বুঝতে পারবেন।
আগেই বলেছি, ঠাকুর মথুরের সঙ্গে ৺গয়াধামে যেতে অস্বীকার করেন। কাজেই সে যাত্রায় কারও আর গয়াদর্শন হল না। বৈদ্যনাথ হয়ে কলিকাতায় সকলে ফিরে এলেন। বৈদ্যনাথের কাছে এক গ্রামের লোকদের দারিদ্র্য দেখেই ঠাকুরের হৃদয় করুণাপূর্ণ হয় এবং তিনি মথুরকে বলে তাদের তৃপ্তি করে একদিন খাইয়ে প্রত্যেককে এক একখানি কাপড় দেন। এ কথা আমরা লীলাপ্রসঙ্গে আগেই এক জায়গায় বিস্তারিতভাবে বলেছি।[6]
ঠাকুরের নবদ্বীপ-দর্শন
কাশী বৃন্দাবনাদি তীর্থ ছাড়া ঠাকুর একবার মহাপ্রভু শ্রীচৈতন্যের জন্মস্থল নবদ্বীপ দর্শন করতেও গিয়েছিলেন; সেবারেও মথুরবাবু তাঁকে সঙ্গে নিয়ে যান। শ্রীগৌরাঙ্গদেবের সম্বন্ধে ঠাকুর আমাদের এক সময়ে যা বলেছিলেন তা থেকেই বেশ বোঝা যায় যে, অবতারপুরুষদের মনের সামনেও সব সময় সব সত্য প্রকাশিত থাকে না। তবে আধ্যাত্মিক জগতের যে বিষয়ের তত্ত্ব তাঁরা জানতে বুঝতে ইচ্ছা করেন, অতি সহজেই তা তাঁদের মন-বুদ্ধির গোচর হয়।
চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে ঠাকুরের পূর্বমত এবং নবদ্বীপে দর্শন পেয়ে সেই মতের পরিবর্তন
শ্রীগৌরাঙ্গের অবতারত্ব সম্বন্ধে আমাদের ভিতর অনেকেই তখন সন্দিহান ছিলেন, এমনকি ‘বৈষ্ণব’ বলতে ‘ছোটলোক’ই বুঝতেন এবং সন্দেহ-নিরসনের জন্য ঠাকুরকে অনেক সময় সে কথা জিজ্ঞাসাও করতেন। ঠাকুর তার উত্তরে একদিন আমাদের বলেছিলেন, “আমারও তখন তখন ঐ রকম মনে হতো রে, ভাবতুম পুরাণ ভাগবত কোথাও কোন নামগন্ধ নেই—চৈতন্য আবার অবতার! ন্যাড়া-নেড়ীরা টেনে বুনে একটা বানিয়েছে আর কি! —কিছুতেই ও কথা বিশ্বাস হতো না। মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম। ভাবলুম, যদি অবতারই হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারব। একটু প্রকাশ (দেবভাবের) দেখবার জন্য এখানে ওখানে বড় গোসাঁইয়ের বাড়ি, ছোট গোসাঁইয়ের বাড়ি, ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম—কোথাও কিছু দেখতে পেলুম না! —সব জায়গাতেই এক এক কাঠের মুরদ হাত তুলে খাড়া হয়ে রয়েছে দেখলুম! দেখে প্রাণটা খারাপ হয়ে গেল; ভাবলুম, কেনই বা এখানে এলুম। তারপর ফিরে আসব বলে নৌকায় উঠছি এমন সময়ে দেখতে পেলুম অদ্ভুত দর্শন! দুটি সুন্দর ছেলে—এমন রূপ কখনো দেখিনি, তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসচে! অমনি ‘ঐ এলোরে, এলোরে’ বলে চেঁচিয়ে উঠলুম। ঐ কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে (নিজের শরীর দেখিয়ে) এর ভেতর ঢুকে গেল, আর বাহ্যজ্ঞান হারিয়ে পড়ে গেলুম! জলেই পড়তুম, হৃদে নিকটে ছিল, ধরে ফেললে। এই রকম এই রকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে—বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ!” ঠাকুর ‘ঢের সব দেখিয়ে’ কথাগুলি এখানে ব্যবহার করলেন, কারণ আগেই একদিন শ্রীগৌরাঙ্গদেবের নগর-সংকীর্তন-দর্শনের কথা আমাদের কাছে গল্প করেছিলেন। সে দর্শনের কথা আমরা লীলাপ্রসঙ্গে অন্যত্র উল্লেখ করেছি বলে এখানে আর করলাম না।[7]
ঠাকুরের কালনায় গমন
এই তীর্থগুলি ছাড়া ঠাকুর আর একবার মথুরবাবুর সঙ্গে কালনা গিয়েছিলেন। মহাপ্রভু শ্রীচৈতন্যের পাদস্পর্শে বাংলার গঙ্গাতীরবর্তী অনেকগুলি গ্রাম যে এক-একটি তীর্থ হয়ে উঠেছে, তা আর বলতে হবে না। কালনা সেগুলিরই অন্যতম। আবার, বর্ধমান রাজবংশের একশো আটটি শিব-মন্দির প্রভৃতি নানা কীর্তি এখানে থাকায় কালনা যে বেশ একটি জমজমাট জায়গা হয়ে উঠেছে, এ কথা যিনিই দেখেছেন তিনিই অনুভব করেছেন। ঠাকুরের কিন্তু এবার কালনা দর্শন করতে যাওয়ার ভিন্ন উদ্দেশ্য ছিল। এখানকার খ্যাতনামা সাধু ভগবানদাস বাবাজীকে দর্শন করাই তাঁর মনোগত অভিপ্রায় ছিল।
ভগবানদাস বাবাজীর ত্যাগ, ভক্তি ও প্রতিপত্তি
ভগবানদাস বাবাজীর বয়স তখন আশি বছরেরও বেশি হবে। তিনি কোন কুল পবিত্র করেছিলেন তা আমাদের জানা নেই। কিন্তু তাঁর জ্বলন্ত ত্যাগ, বৈরাগ্য ও ভগবদ্ভক্তির কথা বাংলার আবালবৃদ্ধ অনেকেরই তখন কানে এসেছিল। শুনেছি, এক জায়গায় একভাবে বসে দিনরাত জপ-তপ-ধ্যান-ধারণাদি করতেন বলে শেষদশায় তাঁর দুই পা অসাড় ও অবশ হয়ে গিয়েছিল। কিন্তু আশি বছরেরও বেশি বয়সে শরীর অপটু ও প্রায় উত্থান-শক্তিরহিত হলেও বৃদ্ধ বাবাজীর হরিনামে উদ্দাম উৎসাহ, ভগবৎপ্রেমে অজস্র অশ্রুবর্ষণ ও আনন্দ কিছুমাত্র কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছিল। এখানকার বৈষ্ণবসমাজ তাঁকে পেয়ে তখন বিশেষ সজীব হয়ে উঠেছিল এবং ত্যাগী বৈষ্ণব-সাধুদের অনেকে তাঁর উজ্জ্বল আদর্শ ও উপদেশে নিজ নিজ জীবন গড়ে তুলে ধন্য হওয়ার সুযোগ পেয়েছিলেন। শুনেছি, বাবাজীর দর্শনে যিনিই তখন যেতেন, তিনিই তাঁর বহুকাল ধরে আচরিত ত্যাগ, তপস্যা, পবিত্রতা ও ভক্তির সঞ্চিত প্রভাব প্রাণে প্রাণে অনুভব করতেন এবং এক অপূর্ব আনন্দ উপলব্ধি করে ফিরে আসতেন। মহাপ্রভু শ্রীচৈতন্যের প্রেমধর্মের কোনো বিষয়ে বাবাজী যে মতামত প্রকাশ করতেন, তাকেই তখন লোকে অভ্রান্ত সত্য বলে মেনে নিয়ে সেইমতো চলত। কাজেই সিদ্ধ বাবাজী তখন কেবল নিজের সাধনাতেই ব্যস্ত থাকতেন না, বৈষ্ণবসমাজের কিসে কল্যাণ হবে, কিসে ত্যাগী বৈষ্ণবেরা ঠিক ঠিক ত্যাগ পালন করে ধন্য হবে, কিসে সাধারণ সংসারী জীব শ্রীচৈতন্য-প্রদর্শিত প্রেমধর্মের আশ্রয়ে এসে শান্তিলাভ করবে—এসব নিয়ে আলোচনায় এবং সেগুলি কাজে পরিণত করতে অনেক সময় কাটাতেন। বৈষ্ণবসমাজের কোথায় কী হচ্ছে, কোথায় কোন সাধু ভালো বা মন্দ আচরণ করছে—সব কথাই লোকে বাবাজীর কাছে এনে হাজির করত এবং তিনিও সেসব শুনে বুঝে কোন বিষয়ে কী করা উচিত তার উপদেশ দিতেন। ত্যাগ, তপস্যা ও প্রেমের জগতে চিরকালই কী যে এক অদৃশ্য সুদৃঢ় বন্ধন! লোকে বাবাজীর উপদেশ শিরোধার্য করে তৎক্ষণাৎ তা পালন করতে স্বতঃপ্রেরিত হয়ে ছুটত। এভাবে গুপ্তচরাদি সহায় না থাকলেও সিদ্ধ বাবাজীর সুতীক্ষ্ণ দৃষ্টি বৈষ্ণবসমাজে যেখানে যে কাজ হত, তার উপরেই পড়ত এবং সেই সমাজের প্রত্যেকেই তাঁর প্রভাব অনুভব করত। আর, সে দৃষ্টি ও প্রভাবের সামনে সরল বিশ্বাসীর উৎসাহ যেমন দিন দিন বেড়ে উঠত, কপটাচারী আবার তেমনই ভীত কুণ্ঠিত হয়ে নিজের স্বভাব বদলাবার চেষ্টা করত।
ঠাকুরের তপস্যাকালে ভারতে ধর্মান্দোলন
অনুরাগের তীব্র প্রেরণায় ঠাকুর যখন ঈশ্বরলাভের জন্য বারো বছর ধরে কঠোর তপস্যায় রত ছিলেন এবং তাতে গুরুভাবের অদৃষ্টপূর্ব বিকাশ হচ্ছিল, তখন উত্তর ভারতবর্ষের অনেক জায়গাতেই ধর্মের একটা বিশেষ আন্দোলন যে চলছিল, এ কথা আমরা লীলাপ্রসঙ্গের অন্যত্র উল্লেখ করেছি।[8] কলিকাতা ও তার নিকটবর্তী নানা জায়গার হরিসভাগুলি এবং ব্রাহ্মসমাজের আন্দোলন, উত্তর-পশ্চিম ও পঞ্জাব অঞ্চলে শ্রীযুত দয়ানন্দ স্বামীজীর বেদধর্মের আন্দোলন—যা এখন আর্যসমাজে পরিণত হয়েছে, বাংলায় বিশুদ্ধ বৈদান্তিক ভাবের, কর্তাভজা সম্প্রদায়ের ও রাধাস্বামী মতের, গুজরাতে নারায়ণ স্বামী মতের—এভাবে নানা জায়গায় নানা ধর্মমতের উৎপত্তি ও আন্দোলন এই সময়েরই কিছু আগে-পরে হয়েছিল। এসব আন্দোলনের সবিস্তার আলোচনা এখানে আমাদের উদ্দেশ্য নয়; কেবল কলিকাতার কলুটোলা নামের পাড়ায় প্রতিষ্ঠিত তেমন একটি হরিসভায় ঠাকুরকে নিয়ে যে ঘটনা ঘটেছিল, সেই কথাই এখানে আমরা পাঠককে বলব।
কলুটোলার হরিসভায় ঠাকুরের গমন
ঠাকুর নিমন্ত্রিত হয়ে একদিন সেই হরিসভায় উপস্থিত হয়েছিলেন; ভাগনে হৃদয় তাঁর সঙ্গে গিয়েছিল। কেউ কেউ বলেন, পণ্ডিত বৈষ্ণবচরণ—যাঁর কথা আমরা আগে পাঠককে বলেছি—সেদিন সেখানে শ্রীমদ্ভাগবতপাঠে ব্রতী ছিলেন এবং তাঁর মুখ থেকে ভাগবত শোনার জন্যই ঠাকুর সেখানে গিয়েছিলেন; এ কথা কিন্তু আমরা ঠাকুরের শ্রীমুখ থেকে শুনেছি বলে মনে হয় না। সে যাই হোক, ঠাকুর যখন সেখানে পৌঁছলেন তখন ভাগবতপাঠ হচ্ছিল এবং উপস্থিত সকলে তন্ময় হয়ে সেই পাঠ শুনছিল। ঠাকুরও তা দেখে শ্রোতৃমণ্ডলীর ভিতর এক জায়গায় বসে পাঠ শুনতে লাগলেন।
সেই সভায় ভাগবত পাঠ
কলুটোলার হরিসভার সভ্যেরা নিজেদের মহাপ্রভু শ্রীচৈতন্যের একান্ত পদাশ্রিত মনে করতেন এবং সে কথাটি অনুক্ষণ স্মরণ রাখার জন্য তাঁরা একখানি আসন পেতে রেখে তাতে মহাপ্রভুর আবির্ভাব কল্পনা করে পূজা, পাঠ প্রভৃতি সভার সমুদয় অনুষ্ঠান সেই আসনের সামনেই করতেন। সেই আসনকে বলা হত ‘শ্রীচৈতন্যের আসন’। সকলে ভক্তিভরে তার সামনে প্রণাম করতেন এবং তাতে কাউকে কখনও বসতে দিতেন না। অন্য সব দিনের মতো সেদিনও পুষ্পমাল্যাদি-ভূষিত সেই আসনের সামনেই ভাগবতপাঠ হচ্ছিল। পাঠক শ্রীশ্রীমহাপ্রভুকেই হরিকথা শোনাচ্ছেন ভেবে ভক্তিভরে পাঠ করছিলেন এবং শ্রোতৃবৃন্দও তাঁরই দিব্যাবির্ভাবের সামনে বসে হরিকথামৃত পান করে ধন্য হচ্ছেন ভেবে উল্লসিত হচ্ছিলেন। ঠাকুরের আগমনে শ্রোতা ও পাঠকের সে উল্লাস ও ভক্তিভাব যে শতগুণে সজীব হয়ে উঠল, তা আর বলতে হবে না।
ঠাকুরের ‘চৈতন্যাসন’-গ্রহণ
ভাগবতের অমৃতোপম কথা শুনতে শুনতে ঠাকুর আত্মহারা হয়ে পড়লেন এবং ‘শ্রীচৈতন্যাসন’-এর অভিমুখে সহসা ছুটে গিয়ে তার উপর দাঁড়িয়ে এমন গভীর সমাধিমগ্ন হলেন যে তাঁর মধ্যে আর কিছুমাত্র প্রাণসঞ্চার লক্ষ করা গেল না! কিন্তু তাঁর জ্যোতির্ময় মুখের সেই অদৃষ্টপূর্ব প্রেমপূর্ণ হাসি এবং শ্রীচৈতন্যদেবের মূর্তিগুলিতে যেমন দেখা যায় তেমনই ঊর্ধ্বোত্তোলিত হস্তে অঙ্গুলিনির্দেশ দেখে বিশিষ্ট ভক্তেরা প্রাণে প্রাণে বুঝলেন, ঠাকুর ভাবমুখে শ্রীশ্রীমহাপ্রভুর সঙ্গে একেবারে তন্ময় হয়ে গিয়েছেন! তাঁর শরীর-মন এবং ভগবান শ্রীশ্রীচৈতন্যের শরীর-মনের মধ্যে স্থূলদৃষ্টিতে দেশকাল এবং অন্য নানা বিষয়ের বিস্তর ব্যবধান যে রয়েছে, ভাবমুখে ঊর্ধ্বে উঠে তার কিছুমাত্র তিনি আর তখন প্রত্যক্ষ করছেন না। পাঠক পাঠ ভুলে ঠাকুরের দিকে চেয়ে স্তম্ভিত হয়ে রইলেন; শ্রোতারাও ঠাকুরের এমন ভাবাবেশ ধরতে বুঝতে না পারলেও একটা অব্যক্ত দিব্য ভয়-বিস্ময়ে অভিভূত হয়ে মুগ্ধ শান্ত হয়ে রইলেন, ভালো-মন্দ কোনো কথাই সে সময়ে কেউ আর বলতে পারলেন না। ঠাকুরের প্রবল ভাবপ্রবাহে সকলেই তখনকার মতো অবশ হয়ে অনির্দেশ্য কোনো এক প্রদেশে যেন ভেসে চলেছেন—এমন একটা অনির্বচনীয় আনন্দ উপলব্ধি করে প্রথমে কিংকর্তব্যবিমূঢ় হয়ে রইলেন, পরে সেই অব্যক্ত ভাবের প্রেরণায় সকলে মিলে উচ্চস্বরে হরিধ্বনি করে নামসংকীর্তন আরম্ভ করলেন। সমাধিতত্ত্বের আলোচনার[9] এক জায়গায় আমরা আগে বলেছি, ঈশ্বরের যে বিশেষ নামের ভিতর অনন্ত দিব্য ভাবরাশি উপলব্ধি করে মন সমাধিলীন হয়, সেই নাম অবলম্বন করেই আবার সে নিচে নেমে বহির্জগৎ উপলব্ধি করে—ঠাকুরের দিব্যসঙ্গে থেকে আমরা প্রতিদিন বারংবার তা বিশেষভাবে দেখেছি। এবারও তাই হল; সংকীর্তনে হরিনাম শুনতে শুনতে ঠাকুরের নিজের শরীরের কতকটা হুঁশ এল এবং ভাবে প্রেমে বিভোর অবস্থায় কীর্তনসম্প্রদায়ের সঙ্গে মিলিত হয়ে তিনি কখনও উদ্দাম মধুর নৃত্য করতে লাগলেন, আবার কখনও বা ভাবের আতিশয্যে সমাধিমগ্ন হয়ে স্থির নিশ্চেষ্ট রইলেন। ঠাকুরের এমন আচরণে উপস্থিত সাধারণ লোকের ভিতর উৎসাহ শতগুণে বেড়ে গেল এবং সকলেই কীর্তনে উন্মত্ত হয়ে উঠল। তখন ঠাকুরের ওভাবে ‘শ্রীচৈতন্যের আসন’ অধিকার করাটা ন্যায়সংগত হয়েছে, না অন্যায় হয়েছে, এ কথার বিচার আর করে কে? এভাবে উদ্দাম তাণ্ডবে বহুক্ষণ শ্রীহরির ও শ্রীমহাপ্রভুর গুণাবলি কীর্তন করার পর সকলে জয়ধ্বনি করে সেদিনকার সে দিব্য লীলা সাঙ্গ করলেন এবং ঠাকুরও অল্পক্ষণ পরেই সেখান থেকে দক্ষিণেশ্বরে ফিরে এলেন।
এমন করার ফলে বৈষ্ণবসমাজে আন্দোলন
ঠাকুরের দিব্যপ্রভাবে হরিনামতাণ্ডবের উচ্চভাবপ্রবাহে উঠে কিছুক্ষণের জন্য মানুষের দোষদৃষ্টি স্তব্ধ হয়ে থাকলেও তিনি সেখান থেকে চলে আসার পর আবার সকলে আগের মতো ‘পুনর্মূষিক’ হয়ে গেল। বাস্তবিক, জ্ঞানকে উপেক্ষা করে কেবলমাত্র ভক্তির সাহায্যে ঈশ্বরপথে অগ্রসর হতে যেসব ধর্ম শিক্ষা দেয়, সেসব ধর্মের এটাই দোষ। সেইসব ধর্মপথের পথিকেরা শ্রীহরির নামসংকীর্তনাদির সাহায্যে কিছুক্ষণের জন্য আধ্যাত্মিক ভাবের উচ্চ আনন্দাবস্থায় অতি সহজে উঠলেও পরক্ষণেই আবার তেমনই নিচে নেমে পড়েন। এতে তাঁদের বিশেষ দোষ নেই; কারণ উত্তেজনার পর অবসাদ আসাটা প্রকৃতির অন্তর্গত শরীর ও মনের ধর্ম। তরঙ্গের পরেই ‘গোড়’, উত্তেজনার পরেই অবসাদ আসাটাই প্রকৃতির নিয়ম। হরিসভার সভ্যেরাও উচ্চ ভাবপ্রবাহের অবসাদে এখন নিজ নিজ পূর্বপ্রকৃতি ও সংস্কারের বশবর্তী হয়ে ঠাকুরের ক্রিয়াকলাপের সমালোচনা শুরু করলেন! এক দল ঠাকুরের ভাবমুখে ‘শ্রীচৈতন্যাসন’ ওভাবে গ্রহণ করাকে সমর্থন করতে এবং অন্য দল সেই কাজের তীব্র প্রতিবাদ করতে লেগে গেলেন। দুই দলে ঘোরতর দ্বন্দ্ব ও বাকবিতণ্ডা বাধল, কিন্তু কোনো মীমাংসাই হল না।
চৈতন্যাসন-গ্রহণের কথা শুনে ভগবানদাসের বিরক্তি
ক্রমে সে কথা লোকমুখে বৈষ্ণবসমাজের সর্বত্র ছড়িয়ে পড়ল। ভগবানদাস বাবাজীও তা শুনতে পেলেন। শুধু তাই নয়, ভবিষ্যতে আবার এমন হতে পারে—ভগবদ্ভাবের ভান করে নামযশঃপ্রার্থী ধূর্ত ভণ্ডেরাও স্বার্থসিদ্ধির জন্য ওই আসন এভাবে অধিকার করে বসতে পারে, এই ভেবে হরিসভার সভ্যদের কেউ কেউ সেই আসন ভবিষ্যতে কীভাবে রক্ষা করা কর্তব্য, তা মীমাংসা করে নেওয়ার জন্য তাঁর কাছে এসে উপস্থিত হলেন।
শ্রীচৈতন্যপদাশ্রিত সিদ্ধ বাবাজী নিজ ইষ্টদেবতার আসন অজ্ঞাতনামা শ্রীরামকৃষ্ণদেব অধিকার করেছেন শোনার পর থেকে বিশেষ বিরক্ত হয়ে ছিলেন। এমনকি, ক্রোধান্ধ হয়ে তাঁর উদ্দেশে কটুকাটব্য বলতে এবং তাঁকে ভণ্ড বলে অভিহিত করতেও কুণ্ঠিত হননি। হরিসভার সভ্যদের দেখে বাবাজীর সেই বিরক্তি ও ক্রোধ যে এখন দ্বিগুণ বেড়ে উঠল এবং চোখের সামনে তেমন বিসদৃশ কাজ হতে দিয়েছেন বলে তাঁদেরও যে বাবাজী অপরাধী সাব্যস্ত করে বিশেষ ভর্ৎসনা করলেন, এ কথা আমরা বেশ বুঝতে পারি। পরে ক্রোধ শান্ত হলে ভবিষ্যতে আর যাতে কেউ তেমন আচরণ করতে না পারে, বাবাজী তার সব বন্দোবস্ত বলে দিলেন। কিন্তু যাঁকে নিয়ে হরিসভার এত গণ্ডগোল বাধল, তিনি সেসব কথার বিশেষ কিছু জানতে পারলেন না।
ভগবানদাসের আশ্রমে ঠাকুরের গমন
সেই ঘটনার কয়েক দিন পরেই শ্রীরামকৃষ্ণদেব স্বতঃপ্রেরিত হয়ে ভাগনে হৃদয় ও মথুরবাবুকে সঙ্গে নিয়ে কালনায় গিয়ে উপস্থিত হলেন। ভোরে নৌকা ঘাটে এসে লাগলে মথুর থাকার জায়গা প্রভৃতির বন্দোবস্তে ব্যস্ত হলেন। শ্রীরামকৃষ্ণদেব ইতিমধ্যে হৃদয়কে সঙ্গে নিয়ে শহর দেখতে বেরোলেন এবং লোকের মুখে ঠিকানা জেনে ক্রমে ভগবানদাস বাবাজীর আশ্রমের কাছে গিয়ে পৌঁছলেন।
ঠাকুরের কথা বাবাজীকে হৃদয়ের বলা
অপরিচিত কোনো ব্যক্তির সম্মুখীন হতে হলে বালকস্বভাব ঠাকুর সব সময়েই প্রথমে একটা অব্যক্ত ভয়-লজ্জাদি ভাবে অভিভূত হয়ে পড়তেন। ঠাকুরের এ ভাবটি আমরা অনেক সময়ে লক্ষ করেছি। বাবাজীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময়ও ঠিক তেমনই হল। হৃদয়কে আগে যেতে বলে নিজে প্রায় আপাদমস্তক কাপড়ে ঢেকে তার পিছন পিছন আশ্রমে প্রবেশ করলেন। হৃদয় ক্রমে বাবাজীর কাছে গিয়ে প্রণাম করে নিবেদন করলেন, “আমার মামা ঈশ্বরের নামে কেমন বিহ্বল হয়ে পড়েন; অনেক দিন থেকেই এরকম অবস্থা। আপনাকে দর্শন করতে এসেছেন।”
জনৈক সাধুর কাজে বাবাজীর বিরক্তি-প্রকাশ
হৃদয় বলেন, বাবাজীর সাধনসম্ভূত একটি শক্তির পরিচয় কাছে যাওয়ামাত্র তিনি পেয়েছিলেন। কারণ, প্রণাম করে ওই কথাগুলি বলার আগেই তিনি বাবাজীকে বলতে শুনেছিলেন, “আশ্রমে যেন কোনো মহাপুরুষের আগমন হয়েছে, বোধ হচ্ছে।” কথাগুলি বলে বাবাজী নাকি এদিক-ওদিক তাকিয়েও দেখেছিলেন; কিন্তু হৃদয় ছাড়া আর কাউকে সে সময়ে আসতে না দেখে সামনে বসা লোকদের সঙ্গে চলতি প্রসঙ্গেই মনোনিবেশ করেছিলেন। একজন বৈষ্ণব সাধু কী অন্যায় কাজ করেছিলেন, তাঁর সম্বন্ধে কী করা কর্তব্য—এই প্রসঙ্গই তখন চলছিল; এবং বাবাজী সাধুর এমন বিসদৃশ কাজে বিষম বিরক্ত হয়ে—তাঁর কণ্ঠী (মালা) কেড়ে নিয়ে সম্প্রদায় থেকে তাড়িয়ে দেবেন, ইত্যাদি বলে তাঁকে তিরস্কার করছিলেন। এমন সময় শ্রীরামকৃষ্ণদেব সেখানে এসে বাবাজীকে প্রণাম করে উপস্থিত মণ্ডলীর এক পাশে দীনভাবে বসলেন। সর্বাঙ্গ কাপড়ে ঢাকা থাকায় তাঁর মুখমণ্ডল ভালো করে কারও চোখে পড়ল না। তিনি এভাবে এসে বসামাত্র হৃদয় তাঁর পরিচয় দিতে ওই কথাগুলি বাবাজীকে নিবেদন করলেন। হৃদয়ের কথায় বাবাজী চলতি কথা থামিয়ে ঠাকুরকে এবং হৃদয়কে প্রতিনমস্কার করে, কোথা থেকে তাঁরা এসেছেন, ইত্যাদি প্রশ্ন করতে লাগলেন।
বাবাজীর লোকশিক্ষা দেওয়ার অহংকার
বাবাজী হৃদয়ের সঙ্গে কথার ফাঁকে মালা ফেরাচ্ছেন দেখে হৃদয় বললেন, “আপনি এখনও মালা রেখেছেন কেন? আপনি সিদ্ধ হয়েছেন, আপনার ওটা এখন আর রাখার প্রয়োজন তো নেই?” ঠাকুরের অভিপ্রায় অনুসারে হৃদয় বাবাজীকে এমন প্রশ্ন করেছিলেন, না স্বতঃপ্রণোদিত হয়ে করেছিলেন, তা আমাদের জানা নেই। বোধ হয় নিজে থেকেই তা করেছিলেন। কারণ, ঠাকুরের সেবায় সর্বদা নিযুক্ত থেকে এবং তাঁর সাহচর্যে সমাজের উচ্চাবচ নানা লোকের সঙ্গে মিশে হৃদয়েরও উপস্থিত বুদ্ধি খাটানোর এবং যখন যেমন তখন তেমন কথা বলার ও প্রসঙ্গ উত্থাপন করার ক্ষমতা বেশ পরিস্ফুট হয়ে উঠেছিল। বাবাজী হৃদয়ের এমন প্রশ্নে প্রথমে দীনতা প্রকাশ করে পরে বললেন, “নিজের প্রয়োজন না থাকলেও লোকশিক্ষার জন্য ওসব রাখা নিতান্ত প্রয়োজন; নইলে আমার দেখাদেখি লোকে ওরকম করে ভ্রষ্ট হয়ে যাবে।”
বাবাজীর এমন বিরক্তি ও অহংকার দেখে ঠাকুরের ভাবাবেশে প্রতিবাদ
চিরকাল শ্রীশ্রীজগন্মাতার উপর সব বিষয়ে বালকের মতো সম্পূর্ণ নির্ভর করে আসায় ঠাকুরের নির্ভরশীলতা এত সহজ, স্বাভাবিক ও মজ্জাগত হয়ে গিয়েছিল যে, নিজে অহংকারের প্রেরণায় কোনো কাজ করা দূরে থাকুক, অপর কেউ তেমন করছে বা করব বলছে দেখলে বা শুনলে তাঁর মনে একটা বিষম যন্ত্রণা হত। সেইজন্যই তিনি ঈশ্বরের দাসভাবে অতি বিরল ক্ষেত্রে ‘আমি’ কথাটি প্রয়োগ করা ছাড়া অপর কোনো ভাবে আমাদের মতো ওই শব্দ উচ্চারণ করতে পারতেন না। অল্প সময়ের জন্যও যে ঠাকুরকে দেখেছে সেও তাঁর এই স্বভাব দেখে বিস্মিত ও মুগ্ধ হয়েছে, অথবা অন্য কেউ কোনো কাজ ‘আমি করব’ বললে তাঁকে বিষম বিরক্তি প্রকাশ করতে দেখে অবাক হয়ে ভেবেছে—ওই লোকটা কী এমন কুকাজ করেছে যাতে তিনি এতটা বিরক্ত হচ্ছেন! ভগবানদাসের কাছে এসেই ঠাকুর প্রথম শুনলেন, তিনি কণ্ঠী ছিঁড়ে নিয়ে একজনকে তাড়িয়ে দেব বলছেন। আবার অল্পক্ষণ পরেই শুনলেন, তিনি লোকশিক্ষা দেওয়ার জন্যই এখনও মালা-তিলকাদির ব্যবহার ত্যাগ করেননি। বাবাজী এভাবে বারংবার ‘আমি তাড়াব, আমি লোকশিক্ষা দেব, আমি মালা-তিলকাদি ত্যাগ করিনি’ ইত্যাদি বলতে থাকায় সরলস্বভাব ঠাকুর আর মনের বিরক্তি আমাদের মতো চেপে সভ্যভব্য হয়ে বসে থাকতে পারলেন না। একেবারে দাঁড়িয়ে উঠে বাবাজীকে লক্ষ্য করে বললেন, “কী? তুমি এখনও এত অহংকার রাখো? তুমি লোকশিক্ষা দেবে? তুমি তাড়াবে? তুমি ত্যাগ ও গ্রহণ করবে? তুমি লোকশিক্ষা দেবার কে? যাঁর জগৎ তিনি না শেখালে তুমি শেখাবে?” —ঠাকুরের তখন সে অঙ্গাবরণ পড়ে গিয়েছে। কটিদেশ থেকে বস্ত্রও শিথিল হয়ে খসে পড়েছে এবং মুখমণ্ডল এক অপূর্ব দিব্য তেজে উদ্ভাসিত হয়ে উঠেছে! তিনি তখন একেবারে আত্মহারা হয়ে পড়েছেন, কাকে কী বলছেন তার কিছুমাত্র যেন বোধ নেই! আবার মাত্র ওই কয়েকটি কথা বলেই ভাবের আতিশয্যে তিনি একেবারে নিশ্চেষ্ট নিস্পন্দ হয়ে সমাধিস্থ হয়ে পড়লেন।
ঠাকুরের কথা বাবাজীর মেনে নেওয়া
সিদ্ধ বাবাজীকে এ পর্যন্ত সকলে মান্য-ভক্তিই করে এসেছে। তাঁর কথার প্রতিবাদ করতে বা তাঁর দোষ দেখিয়ে দিতে এ পর্যন্ত কারও সামর্থ্যে ও সাহসে কুলোয়নি। ঠাকুরের এমন আচরণ দেখে তিনি প্রথমে বিস্মিত হলেন; কিন্তু সাধারণ মানুষ ওইরকম অবস্থায় পড়লে যেমন ক্রোধের বশে প্রতিহিংসা নিতেই উদ্যত হয়, বাবাজীর মনে সেরকম ভাব জাগল না! তপস্যা-প্রসূত সরলতা তাঁর সহায় হয়ে শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলির যাথার্থ্য তাঁকে হৃদয়ঙ্গম করিয়ে দিল! তিনি বুঝলেন, বাস্তবিকই এ জগতে ঈশ্বর ছাড়া আর দ্বিতীয় কর্তা নেই। অহংকারী মানব যতই কেন ভাবুক না যে, সে-ই সব কাজ করছে, বাস্তবিক কিন্তু সে অবস্থার দাসমাত্র; যতটুকু অধিকার তাকে দেওয়া হয়েছে মাত্র ততটুকুই সে বুঝতে ও করতে পারে। সংসারী মানব যা করে করুক, ভক্ত ও সাধকের তিলেকের জন্যও সে কথা ভুলে থাকা উচিত নয়। তাতে তাঁর পথভ্রষ্ট হয়ে পতনের সম্ভাবনা আছে। এভাবে ঠাকুরের শক্তিপূর্ণ কথাগুলিতে বাবাজীর অন্তর্দৃষ্টি আরও প্রস্ফুটিত হয়ে তাঁকে নিজের দোষ দেখিয়ে বিনীত ও নম্র করল। আবার শ্রীরামকৃষ্ণদেবের শরীরে অপূর্ব ভাববিকাশ দেখে তাঁর ধারণা হল, ইনি সামান্য পুরুষ নন।
ঠাকুর ও ভগবানদাসের প্রেমালাপ ও মথুরের আশ্রমস্থ সাধুদের সেবা
পরে ভগবৎপ্রসঙ্গে সেখানে যে এক অপূর্ব দিব্যানন্দের প্রবাহ ছুটল, এ কথা আমরা সহজেই অনুমান করতে পারি। সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের মুহুর্মুহু ভাবাবেশ ও উদ্দাম আনন্দে বাবাজী মোহিত হয়ে দেখলেন, যে মহাভাবের শাস্ত্রীয় আলোচনা ও ধারণায় তিনি এতকাল কাটিয়েছেন, সেই মহাভাবই শ্রীরামকৃষ্ণ-শরীরে নিত্য প্রকাশিত! কাজেই শ্রীরামকৃষ্ণদেবের উপর তাঁর ভক্তি-শ্রদ্ধা গভীর হয়ে উঠল। পরে যখন বাবাজী শুনলেন, ইনিই সেই দক্ষিণেশ্বরের পরমহংস, যিনি কলুটোলার হরিসভায় ভাবাবেশে আত্মহারা হয়ে শ্রীচৈতন্যাসন অধিকার করে বসেছিলেন, তখন এঁকেই আমি অযথা কটুকাটব্য বলেছি—এই ভেবে তাঁর মনে ক্ষোভ ও পরিতাপের অবধি রইল না। তিনি বিনীতভাবে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করে সেজন্য ক্ষমা প্রার্থনা করলেন। এভাবে ঠাকুর ও বাবাজীর সেদিনকার প্রেমের লীলা সাঙ্গ হল এবং শ্রীরামকৃষ্ণদেবও হৃদয়কে সঙ্গে নিয়ে কিছুক্ষণ পরে মথুরের কাছে এসে সেই ঘটনার আদ্যোপান্ত তাঁকে শুনিয়ে বাবাজীর উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করলেন। মথুরবাবুও তা শুনে বাবাজীকে দর্শন করতে গেলেন এবং আশ্রমের দেববিগ্রহের সেবা ও একদিনের মহোৎসবাদির জন্য বিশেষ বন্দোবস্ত করে দিলেন।
[1] অবতারপুরুষেরা অনেক সময় একইভাবে শিক্ষা দেন। মহামহিম ঈশা এক সময়ে তাঁর শিষ্যবর্গকে বলেছিলেন – “To him who hath more, more shall be given and from him who hath little, that little shall be taken away.” অর্থাৎ যার বেশি ভক্তি-বিশ্বাস আছে তাকে আরও সেই ভাব দেওয়া হবে। আর যার ভক্তি-বিশ্বাস অল্প তার কাছ থেকে সেই অল্পটুকুও কেড়ে নেওয়া হবে।
[2] ঠাকুর এ কথাগুলি অন্যভাবে বলেছিলেন।
[3] ললিতবিস্তর ৯।৫৭।
[4] জাগ প্রদীপ।
[5] বাঁশ-খড়ে তৈরি একজন মাত্র লোকের বাসোপযোগী ঘরকে এখানে কুপ বলে। একটি মোচার অগ্রভাগ কেটে জমির উপর বসিয়ে রাখলে যেমন দেখতে হয়, কুপও দেখতে তেমন।
[6] গুরুভাব – পূর্বার্ধ, সপ্তম অধ্যায়ের শেষভাগ দেখো।
[7] সপ্তম অধ্যায়ের পূর্বভাগ দেখো।
[8] পঞ্চম অধ্যায় দেখো।
[9] গুরুভাব – পূর্বার্ধ, সপ্তম অধ্যায় দেখো।
অজোঽপি সন্নব্যয়াত্মা ভূতানামীশ্বরোঽপি সন্।
প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়য়া॥
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥
– গীতা, ৪।৬-৮
বেদে ব্রহ্মজ্ঞ পুরুষকে সর্বজ্ঞ বলায় আমাদের না বুঝে বাদানুবাদ
বেদপ্রমুখ শাস্ত্র বলেন, ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ হন। তাঁর মনে সাধারণ মানুষের মতো কোনো মিথ্যা সংকল্পের কখনও উদয় হয় না। তাঁরা যখনই যে বিষয় জানতে বুঝতে ইচ্ছা করেন, তাঁদের অন্তর্দৃষ্টির সামনে সে বিষয় তখনই প্রকাশিত হয়, অথবা সে বিষয়ের তত্ত্ব তাঁরা বুঝতে পারেন। কথাগুলি শুনে ভাব বুঝতে না পেরে আমরা আগে শাস্ত্রের বিরুদ্ধ পক্ষ নিয়ে কতই না মিথ্যা তর্ক তুলেছি! বলেছি, ও কথা যদি সত্য হয় তবে ভারতের পূর্ব পূর্ব যুগের ব্রহ্মজ্ঞেরা জড়বিজ্ঞান সম্বন্ধে এত অজ্ঞ ছিলেন কেন? হাইড্রোজেন ও অক্সিজেন মিলে যে জল হয়, এ কথা ভারতের কোন ব্রহ্মজ্ঞ বলে গেছেন? তড়িৎশক্তির সাহায্যে ছয় মাসের পথ আমেরিকাপ্রদেশের সংবাদ যে চার-পাঁচ ঘণ্টার ভিতরেই আমরা এখানে বসে পেতে পারি, এ কথা তাঁরা বলে যাননি কেন? অথবা যন্ত্রের সাহায্যে মানুষ যে বিহঙ্গমের মতো আকাশচারী হতে পারে, এ কথাই বা জানতে পারেননি কেন?
ঠাকুর তা কীভাবে সত্য বলে বোঝাতেন; “ভাতের হাঁড়ির একটি ভাত টিপে বুঝা, সিদ্ধ হয়েছে কি না”
ঠাকুরের কাছে এসেই শুনলাম, শাস্ত্রের সে কথা ওভাবে বুঝতে গেলে তার কোনো অর্থই পাওয়া যাবে না; অথচ শাস্ত্র যেভাবে সে কথা বলেছেন, সেভাবে দেখলে তা সত্য বলে নিশ্চিত প্রতীতি হবে। এজন্য ঠাকুর শাস্ত্রের সে কথা দু-একটি গ্রাম্য দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে বলতেন, “হাঁড়িতে ভাত ফুটছে; চালগুলি সুসিদ্ধ হয়েছে কি না জান্তে তুই তার ভেতর থেকে একটা ভাত তুলে টিপে দেখলি যে হয়েছে—আর অমনি বুঝতে পারলি যে, সব চালগুলি সিদ্ধ হয়েছে। কেন? তুই তো ভাতগুলির সব এক একটি করে টিপে টিপে দেখলি না—তবে কী করে বুঝলি? ঐ কথা যেমন বোঝা যায়, তেমনি জগৎসংসারটা নিত্য কি অনিত্য, সৎ কি অসৎ—এ কথাও সংসারের দুটো-চারটে জিনিস পরখ (পরীক্ষা) করে দেখেই বোঝা যায়। মানুষটা জন্মাল, কিছুদিন বেঁচে রইল, তারপর মলো, গরুটাও—তাই; গাছটাও—তাই; এইরূপে দেখে দেখে বুঝলি যে, যে জিনিসেরই নাম আছে, রূপ আছে, সেগুলোরই এই ধারা। পৃথিবী, সূর্যলোক, চন্দ্রলোক, সকলের নাম রূপ আছে, অতএব তাদেরও এই ধারা। এইরূপে জানতে পারলি, সমস্ত জগৎ-সংসারটারই এই স্বভাব। তখন জগতের ভিতরের সব জিনিসেরই স্বভাবটা জানলি—কি না? এইরূপে যখনি সংসারটাকে ঠিক ঠিক অনিত্য, অসৎ বলে বুঝবি, অমনি সেটাকে আর ভালবাসতে পারবি না—মন থেকে ত্যাগ করে নির্বাসনা হবি। আর যখনি ত্যাগ করবি, তখনি জগৎকারণ ঈশ্বরের দেখা পাবি। ঐরূপে যার ঈশ্বরদর্শন হলো, সে সর্বজ্ঞ হলো না তো কী হলো তা বল!”
কোনো বিষয়ের উৎপত্তির কারণ থেকে লয় পর্যন্ত জানাই সে বিষয়ের সর্বজ্ঞতা; ঈশ্বর-লাভে জগৎ-সম্বন্ধেও তেমনই হয়
ঠাকুরের এত কথার পরে আমরা বুঝতে পারলাম—ঠিক কথাই তো, একভাবে সর্বজ্ঞই তো সে হল বটে! কোনো একটা পদার্থের আদি মধ্য ও অন্ত দেখতে পাওয়া এবং সেই পদার্থটার উৎপত্তি যা থেকে হয়েছে তা দেখতে বা জানতে পারাকেই তো আমরা সেই পদার্থের জ্ঞান বলি। তবে ওইভাবে জগৎসংসারটাকে জানা বা বোঝাকেও জ্ঞান বলতে হবে। আবার সেই জ্ঞান জগদন্তর্গত সকল পদার্থ সম্বন্ধেই সমানভাবে সত্য। কাজেই তাকে জগদন্তর্গত সব পদার্থের জ্ঞান বলতে হয় এবং যাঁর এমন জ্ঞান হয়, তাঁকে সর্বজ্ঞ তো বাস্তবিকই বলা যায়। শাস্ত্র তো তবে ঠিকই বলেছে।
ব্রহ্মজ্ঞ পুরুষ সিদ্ধসংকল্প হন, এ কথাও সত্য। সে কথার অর্থ। ঠাকুরের জীবন দেখে সে সম্বন্ধে কী বোঝা যায়। “হাড়মাসের খাঁচায় মন আনতে পারলুম না!”
ব্রহ্মজ্ঞ পুরুষ সত্যসংকল্প হন, সিদ্ধসংকল্প হন, শাস্ত্রীয় এই বচনেরও তখন একটা মোটামুটি অর্থ খুঁজে পেলাম। বুঝতে পারলাম যে, এক একটা বিষয়ে মনের সমগ্র চিন্তাশক্তি একত্রিত করে অনুসন্ধান করলেই আমাদের সেই বিষয়ে জ্ঞান আসে, এটা নিত্য-প্রত্যক্ষ। তা হলে ব্রহ্মজ্ঞ পুরুষ, যিনি নিজের মনকে সম্পূর্ণভাবে বশীভূত এবং আয়ত্ত করেছেন, তিনি যখনই যে-কোনো বিষয় জানার জন্য মনের সর্বশক্তি একত্রিত করে অনুসন্ধান শুরু করবেন, তখনই তিনি যে অতি সহজে সেই বিষয়ের জ্ঞানলাভ করতে পারবেন, এতে তো বিচিত্র কিছু নেই। তবে এর ভিতর একটা কথা আছে—যিনি সমগ্র জগৎসংসারটাকে অনিত্য বলে ধ্রুব ধারণা করেছেন এবং সর্বশক্তির আকরস্বরূপ জগৎকারণ ঈশ্বরকে প্রেমে সাক্ষাৎভাবেও ধরতে পেরেছেন, তাঁর রেলগাড়ি চালানোর, মানুষমারা কলকারখানা নির্মাণ করার সংকল্প বা প্রবৃত্তি হবে কি না। যদি এমন সংকল্প তাঁদের মনে জাগা অসম্ভব হয়, তা হলেই তো আর সেরকম কলকারখানা নির্মিত হল না। ঠাকুরের দিব্যসঙ্গ লাভ করে দেখলাম, বাস্তবিকই তাই হয়। বাস্তবিকই তাঁদের ভিতর তেমন প্রবৃত্তির উদয় হওয়া অসম্ভব হয়ে ওঠে। ঠাকুর কাশীপুরে দারুণ ব্যাধিতে ভুগছেন, এমন সময়ে স্বামী বিবেকানন্দ-প্রমুখ আমরা সজল-নয়নে তাঁকে অনুরোধ করলাম, আমাদের কল্যাণের জন্য মনঃশক্তি প্রয়োগ করে রোগমুক্ত হোন; তবু তিনি সে চেষ্টা বা সংকল্প করতে পারলেন না! বললেন, তা করতে গিয়ে সংকল্পের একটা দৃঢ়তা বা আঁট কিছুতেই মনে আনতে পারলেন না! বললেন, “এ হাড়-মাসের খাঁচাটার উপর মনকে সচ্চিদানন্দ হতে ফিরিয়ে কিছুতেই আনতে পারলুম না! সর্বদা শরীরটাকে তুচ্ছ হেয় জ্ঞান করে যে মনটা জগদম্বার পাদপদ্মে চিরকালের জন্য দিয়েছি, সেটাকে এখন তা থেকে ফিরিয়ে শরীরটাতে আনতে পারি কি রে?”
সে বিষয় বুঝতে ঠাকুরের জীবন থেকে আর একটি ঘটনার উল্লেখ। “মন উঁচু বিষয়ে রয়েচে, নীচে নামাতে পারলুম না”
আর একটা ঘটনার কথা এখানে বললে পাঠকের এই বিষয়টি বোঝা সহজ হবে। বাগবাজারের শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে ঠাকুর একদিন এসেছেন। বেলা তখন দশটা হবে। ঠাকুরের সেদিন সেখানে আসাটা আগে থেকে ঠিক ছিল। কাজেই শ্রীযুক্ত নরেন্দ্রনাথ-প্রমুখ অনেক যুবক ভক্ত তাঁর দর্শনলাভের জন্য সেখানে এসে উপস্থিত হলেন, এবং কখনও ঠাকুরের সঙ্গে আর কখনও তাঁদের নিজেদের ভিতরে নানা প্রসঙ্গ চলতে লাগল। সূক্ষ্ম ইন্দ্রিয়াতীত বিষয় দেখার কথায় ক্রমে অণুবীক্ষণ-যন্ত্রের কথা এসে পড়ল। স্থূল চোখে যা দেখা যায় না, এমন সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থও তার সাহায্যে দেখা যায়, একগাছি অতি ক্ষুদ্র লোম ওই যন্ত্রের ভিতর দিয়ে দেখলে একগাছি লাঠির মতো দেখায় এবং দেহের প্রত্যেকটি লোম পেঁপের ডালের মতো ফাঁপা, এটাও দেখা যায়, ইত্যাদি নানা কথা শুনে ঠাকুর ওই যন্ত্রের সাহায্যে দু-একটি জিনিস দেখতে বালকের মতো আগ্রহ প্রকাশ করতে লাগলেন। কাজেই ভক্তেরা ঠিক করলেন, সেদিন বিকেলেই কারও কাছ থেকে ওই যন্ত্র চেয়ে এনে ঠাকুরকে দেখাবেন।
তখন খোঁজ করে জানা গেল, শ্রীযুক্ত প্রেমানন্দ স্বামীজীর ভাই, আমাদের শ্রদ্ধাস্পদ বন্ধু ডাক্তার বিপিনবিহারী ঘোষ—তিনি মাত্র অল্প দিন আগেই ডাক্তারি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন—ওইরকম একটি যন্ত্র মেডিকেল কলেজ থেকে পুরস্কারস্বরূপ পেয়েছেন। সেই যন্ত্রটি এনে ঠাকুরকে দেখাবার জন্য তাঁর কাছে লোক পাঠানো হল। তিনিও সংবাদ পেয়ে কয়েক ঘণ্টা পরে বেলা চারটে নাগাদ যন্ত্রটি নিয়ে এলেন এবং সেটি ঠিকঠাক করে খাটিয়ে ঠাকুরকে তার ভিতর দিয়ে দেখার জন্য ডাকলেন।
ঠাকুর উঠলেন, দেখতে গেলেন, কিন্তু না দেখেই আবার ফিরে এলেন! সকলে কারণ জিজ্ঞাসা করলে বললেন, “মন এখন এত উঁচুতে উঠে রয়েছে যে, কিছুতেই এখন তাকে নামিয়ে নিচের দিকে দেখতে পারছি না।” আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম—ঠাকুরের মন যদি নেমে আসে, সেই আশায়। কিন্তু কিছুতেই সেদিন আর ঠাকুরের মন সেই উচ্চ ভাবভূমি থেকে নামল না—কাজেই তাঁর আর সেদিন অণুবীক্ষণের সাহায্যে কোনো পদার্থই দেখা হল না। বিপিনবাবু আমাদের কয়েকজনকে সেসব জিনিস দেখিয়ে অগত্যা যন্ত্রটি ফিরিয়ে নিয়ে গেলেন।
ঠাকুরের দুই দিক দিয়ে দুই প্রকারে সকল বস্তু ও বিষয় দেখা
দেহাদি-ভাব ছাড়িয়ে ঠাকুরের মন যখন যত উচ্চ থেকে উচ্চতর ভাবভূমিতে বিচরণ করত, তখন তাঁর সেই ভূমি থেকে লব্ধ তত অসাধারণ দিব্যদর্শনসমূহ এসে উপস্থিত হত এবং দেহ থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে যখন তিনি সর্বোচ্চ অদ্বৈতভাবভূমিতে বিচরণ করতেন, তখন তাঁর হৃদয়ের স্পন্দনাদি দেহের সমস্ত ইন্দ্রিয়ব্যাপার কিছুকালের জন্য রুদ্ধ হয়ে যেত, দেহটা মৃতবৎ পড়ে থাকত এবং মনের চিন্তাকল্পনাদি সমস্ত ব্যাপারও সম্পূর্ণভাবে স্থির হয়ে যেত; তিনি অখণ্ডসচ্চিদানন্দের সঙ্গে একেবারে অপৃথকভাবে অবস্থান করতেন।
অদ্বৈত ভাবভূমি ও সাধারণ ভাবভূমি—১মটি থেকে ইন্দ্রিয়াতীত দর্শন; ২য়টি থেকে ইন্দ্রিয় দিয়ে দর্শন
আবার সেই সর্বোচ্চ ভাবভূমি থেকে নিম্নতর ভূমিতে ক্রমে ক্রমে নামতে নামতে যখন সাধারণ মানুষের মতো ঠাকুরের পুনরায় ‘এই দেহটা আমার’—এমন ভাবের উদয় হত, তখন তিনি আবার আমাদের মতো চোখ দিয়ে দেখতেন, কান দিয়ে শুনতেন, ত্বক দিয়ে স্পর্শ করতেন এবং মন দিয়ে চিন্তা-সংকল্পাদি করতেন।
সাধারণ মানব ২য় প্রকারেই সকল বিষয় দেখে
পাশ্চাত্যের একজন প্রধান দার্শনিক[1] মানবমনের সমাধিভূমিতে এমন আরোহণ-অবরোহণের কিঞ্চিৎ আভাস পেয়েই এই মত প্রকাশ করেছেন যে, সাধারণ মানুষের দেহান্তর্গত চৈতন্যও সব সময় একই অবস্থায় থাকে না। সেই মতই যে যুক্তিযুক্ত এবং ভারতের পূর্ব পূর্ব সকল ঋষির অনুমোদিত, এ কথা আর বলতে হবে না। তবে সাধারণ মানুষ সেই উচ্চতম অদ্বৈত-ভাবভূমিতে বহুকাল আরোহণ না করে তার কথা একেবারে ভুলে গেছে এবং কেবলমাত্র ইন্দ্রিয়াদির সাহায্যেই জ্ঞানলাভ করা যায়, এই কথাটায় একেবারে দৃঢ় বিশ্বাস রেখে সংসারে একরকম নোঙর ফেলে নিশ্চিন্ত হয়ে বসে আছে। নিজ জীবনে তার বিপরীত করে দেখিয়ে মানুষের সেই ভ্রম দূর করতেই যে ঠাকুরের মতো অবতারপ্রথিত জগদ্গুরু আধিকারিক পুরুষদের কালে কালে উদয়—এ কথাই বেদপ্রমুখ শাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছেন।
ঠাকুরের দুই প্রকার দৃষ্টির দৃষ্টান্ত
সে যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে, ঠাকুর সংসারের সকল বস্তু ও ব্যক্তিকে আমাদের মতো কেবল একভাবেই দেখতেন না। উচ্চ থেকে উচ্চতর ভাবভূমিগুলিতে আরোহণ করে সেই সব বস্তু ও ব্যক্তিকে যেমন দেখায়, তাও সর্বদা দেখতে পেতেন। এজন্যই তাঁর পক্ষে সংসারের কোনো বিষয়েই আমাদের মতো একদেশী মত ও ভাব অবলম্বন করা অসম্ভব হয়ে উঠেছিল; এবং সেজন্যই তিনি আমাদের কথা ও ভাব ধরতে বুঝতে পারলেও আমরা তাঁর কথা ও ভাব বুঝতে পারতাম না। আমরা মানুষটাকে মানুষ বলে, গরুটাকে গরু বলে, পাহাড়টাকে পাহাড় বলেই কেবল জানি। তিনি দেখতেন মানুষটা, গরুটা, পাহাড়টা—মানুষ, গরু ও পাহাড় বটে; তার উপর আবার দেখতেন, সেই মানুষ, গরু ও পাহাড়ের ভিতর থেকে সেই জগৎকারণ অখণ্ডসচ্চিদানন্দ উঁকি মারছেন! মানুষ, গরু ও পাহাড়ের আবরণে আবৃত হওয়ায় কোথাও তাঁর অঙ্গ (প্রকাশ) বেশি দেখা যাচ্ছে এবং কোথাও বা কম দেখা যাচ্ছে, এইটুকুই প্রভেদ। সেজন্যই ঠাকুরকে বলতে শুনেছি –
এ সম্বন্ধে ঠাকুরের নিজের কথা ও দর্শন—“ভিন্ন ভিন্ন খোলগুলোর ভেতর থেকে মা উঁকি মারচে! রমণী বেশ্যাও মা হয়েছে!”
“দেখি কী—যেন গাছপালা, মানুষ, গরু, ঘাস, জল সব ভিন্ন ভিন্ন রকমের খোলগুলো! বালিশের খোল যেমন হয়, দেখিসনি? —কোনটা খেরোর, কোনটা ছিটের, কোনটা বা অন্য কাপড়ের, কোনটা চারকোণা, কোনটা গোল—সেই রকম। আর বালিশের ঐ সব রকম খোলের ভেতরে যেমন একই জিনিস তুলো ভরা থাকে—সেই রকম ঐ মানুষ, গরু, ঘাস, জল, পাহাড়, পর্বত সব খোলগুলোর ভেতরেই সেই এক অখণ্ডসচ্চিদানন্দ রয়েছেন। ঠিক ঠিক দেখতে পাই রে, মা যেন নানা রকমের চাদর মুড়ি দিয়ে নানা রকম সেজে ভেতর থেকে উঁকি মারচেন! একটা অবস্থা হয়েছিল, যখন সদা-সর্বক্ষণ ঐ রকম দেখতুম। ঐ রকম অবস্থা দেখে বুঝতে না পেরে সকলে বোঝাতে, শান্ত করতে এল। রামলালের মা-টা সব কত কী বলে কাঁদতে লাগল; তাদের দিকে চেয়ে দেখছি কী যে, (কালীমন্দির দেখিয়ে) ঐ মা-ই নানা রকমে সেজে এসে ঐ রকম করচে! ঢং দেখে হেসে গড়াগড়ি দিতে লাগলুম আর বলতে লাগলুম, ‘বেশ সেজেচ!’ একদিন কালীঘরে আসনে বসে মাকে চিন্তা করচি; কিছুতেই মার মূর্তি মনে আনতে পারলুম না। তারপর দেখি কী—রমণী বলে একটা বেশ্যা ঘাটে চান করতে আসত, তার মতো হয়ে পূজার ঘটের পাশ থেকে উঁকি মারচে! দেখে হাসি আর বলি, ‘ওমা, আজ তোর রমণী হতে ইচ্ছে হয়েছে—তা বেশ, ঐরূপেই আজ পূজো নে!’ ঐ রকম করে বুঝিয়ে দিলে—‘বেশ্যাও আমি—আমি ছাড়া কিছু নেই!’ আর একদিন গাড়ি করে মেছোবাজারের রাস্তা দিয়ে যেতে যেতে দেখি কী—সেজে গুজে, খোঁপা বেঁধে, টিপ পরে বারাণ্ডায় দাঁড়িয়ে বাঁধা হুঁকোয় তামাক খাচ্চে, আর মোহিনী হয়ে লোকের মন ভুলুচ্চে! দেখে অবাক হয়ে বললুম, ‘মা! তুই এখানে এইভাবে রয়েছিস?’ —বলে প্রণাম করলুম!” উচ্চ ভাবভূমিতে উঠে এভাবে সকল বস্তু ও ব্যক্তিকে দেখতে আমরা ভুলেই গেছি। অতএব ঠাকুরের এসব উপলব্ধির কথা বুঝব কীভাবে?
ঠাকুরের ইন্দ্রিয়, মন ও বুদ্ধির তীক্ষ্ণতা সাধারণের চেয়ে বেশি। তার কারণ—ভোগসুখে অনাসক্তি। আসক্ত ও অনাসক্ত মনের কাজের তুলনা
আবার দেহাদি-ভাব নিয়ে ঠাকুর যখন আমাদের মতো সাধারণ ভাবভূমিতে থাকতেন, তখনও স্বার্থ-ভোগসুখ-স্পৃহার বিন্দুমাত্রও মনে না থাকায় ঠাকুরের বুদ্ধি ও দৃষ্টি আমাদের চেয়ে কত বেশি বিষয়ই না ধরতে এবং তলিয়ে বুঝতে পারত! ভোগসুখ লাভ করার যে প্রবল কামনা আমাদের প্রত্যেকের ভিতরে রয়েছে, খেতে শুতে দেখতে শুনতে বেড়াতে ঘুমোতে বা অপরের সঙ্গে আলাপ-আলোচনা করতে—সব সময়ে তারই অনুকূল বিষয়সমূহ আমাদের নয়নে উজ্জ্বল বর্ণে প্রতিভাসিত হয় এবং সেজন্য আমাদের মন তার প্রতিকূল বস্তু ও ব্যক্তিকে উপেক্ষা করে এই বিষয়গুলির দিকেই আরও আকৃষ্ট হয়। ওইভাবে উপেক্ষিত প্রতিকূল ব্যক্তি ও বিষয়গুলির স্বভাব জানার আর আমাদের সুযোগ হয়ে ওঠে না। এভাবে কতকগুলি বস্তু ও ব্যক্তিকেই আপন করে নিয়ে বা নিজস্ব করে নেওয়ার চেষ্টাতেই আমরা জীবনটা কাটিয়ে দিই। এইজন্যই সাধারণ মানুষের ভিতর জ্ঞানলাভ করার ক্ষমতার এত তারতম্য দেখা যায়। আমাদের সকলেরই চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় থাকলেও সেগুলিকে সমানভাবে সকল বিষয়ে চালনা করে জ্ঞানোপার্জন করতে আমরা সকলে পারি কই? এইজন্যই আমাদের ভিতরে যাদের স্বার্থপরতা এবং ভোগস্পৃহা অল্প, তারাই অন্য সকলের চেয়ে সহজে সকল বিষয়ে জ্ঞানলাভ করতে পারে।
ঠাকুরের মনের তীক্ষ্ণতার দৃষ্টান্ত
সাধারণ ভাবভূমিতে থাকার সময়েও ঠাকুরের দৃষ্টি যে কী তীক্ষ্ণ ছিল, তার দু-একটি দৃষ্টান্ত এখানে দিলে মন্দ হবে না। আধ্যাত্মিক জটিল তত্ত্বগুলি বোঝাতে ঠাকুর সাধারণত যেসব দৃষ্টান্ত ও রূপকাদি ব্যবহার করতেন, তাতে সেই তীক্ষ্ণদৃষ্টির কতটা পরিচয় যে পাওয়া যেত, তা বলবার নয়। সেগুলির প্রত্যেকটির সাহায্যে ঠাকুর যেন এক একটি জ্বলন্ত চিত্র দেখিয়ে সেই জটিল বিষয় যে সম্ভবপর, এ কথা শ্রোতার হৃদয়ে একেবারে ঢুকিয়ে দিতেন!
সাংখ্য-দর্শন সহজে বোঝানো—“বে-বাড়ির কর্তা-গিন্নী”
ধরো, জটিল সাংখ্যদর্শনের কথা চলছে। ঠাকুর আমাদের কাছে পুরুষ ও প্রকৃতি থেকে জগতের উৎপত্তির কথা বলতে গিয়ে বললেন, “ওতে বলে—পুরুষ অকর্তা, কিছু করেন না। প্রকৃতিই সকল কাজ করেন; পুরুষ প্রকৃতির ঐসকল কাজ সাক্ষিস্বরূপ হয়ে দেখেন, প্রকৃতিও আবার পুরুষকে ছেড়ে আপনি কোন কাজ করতে পারেন না।” শ্রোতারা তো সকলেই পণ্ডিত—অফিসের চাকুরে বাবু বা মুচ্ছুদ্দি, না হয় বড়জোর ডাক্তার, উকিল বা ডেপুটি, আর স্কুল-কলেজের ছোঁড়া; কাজেই ঠাকুরের কথাগুলি শুনে সকলে মুখ চাওয়াচাওয়ি করছে। ভাবগতিক দেখে ঠাকুর বললেন, “ওই যে গো দেখনি, বে-বাড়িতে? কর্তা হুকুম দিয়ে নিজে বসে বসে আলবোলায় তামাক টানছে। গিন্নি কিন্তু কাপড়ে হলুদ মেখে একবার এখানে, একবার ওখানে বাড়িময় ছুটাছুটি করে এ কাজটা হলো কি না, ও কাজটা করলে কি না সব দেখচেন, শুনচেন, বাড়িতে যত মেয়েছেলে আসছে তাদের আদর অভ্যর্থনা করচেন আর মাঝে মাঝে কর্তার কাছে এসে হাতমুখ নেড়ে শুনিয়ে যাচ্চেন—‘এটা এইরকম করা হলো, ওটা এইরকম হলো, এটা করতে হবে, ওটা করা হবে না’ ইত্যাদি। কর্তা তামাক টানতে টানতে সব শুনচেন আর ‘হুঁ’ ‘হুঁ’ করে ঘাড় নেড়ে সব কথায় সায় দিচ্চেন! সেইরকম আর কি।” ঠাকুরের কথা শুনে সকলে হাসতে লাগল এবং সাংখ্য-দর্শনের কথাও বুঝতে পারল!
ব্রহ্ম ও মায়া এক বোঝানো—“সাপ চলছে ও সাপ স্থির”
পরে আবার হয়তো কথা উঠল—“বেদান্তে বলে, ব্রহ্ম ও ব্রহ্মশক্তি, পুরুষ ও প্রকৃতি অভেদ অর্থাৎ পুরুষ ও প্রকৃতি দুটি পৃথক পদার্থ নয়; একই পদার্থ, কখনও পুরুষভাবে এবং কখনও বা প্রকৃতিভাবে থাকে।” আমরা বুঝতে পারছি না দেখে ঠাকুর বললেন, “সেটা কিরকম জানিস? যেমন সাপটা কখনো চলচে, আবার কখনো বা স্থির হয়ে পড়ে আছে। যখন স্থির হয়ে আছে তখন হলো পুরুষভাব—প্রকৃতি তখন পুরুষের সঙ্গে মিশে এক হয়ে আছে। আর যখন সাপটা চলচে, তখন যেন প্রকৃতি পুরুষ থেকে আলাদা হয়ে কাজ করছে!” সেই চিত্রটি থেকে কথাটি বুঝে সকলে ভাবতে লাগল, এত সোজা কথাটা বুঝতে পারিনি।
ঈশ্বর মায়াবদ্ধ নন—“সাপের মুখে বিষ থাকে, কিন্তু সাপ মরে না”
আবার হয়তো পরে কথা উঠল, মায়া ঈশ্বরেরই শক্তি, ঈশ্বরেই রয়েছেন, তবে কি ঈশ্বরও আমাদের মতো মায়াবদ্ধ? ঠাকুর শুনে বললেন, “না রে, ঈশ্বরের মায়া হলেও এবং মায়া ঈশ্বরে সর্বদা থাকলেও ঈশ্বর কখনও মায়াবদ্ধ হন না। এই দেখ না—সাপ যাকে কামড়ায় সেই মরে; সাপের মুখে বিষ সর্বদা রয়েছে, সাপ সর্বদা সেই মুখ দিয়ে খাচ্চে, ঢোক গিলচে, কিন্তু সাপ নিজে তো মরে না—সেই রকম!” সকলে বুঝল, তা সম্ভবপর বটে।
প্রকৃতিগত অসাধারণ পরিবর্তনগুলি দেখতে পেয়ে ঠাকুরের ধারণা—ঈশ্বর আইন বা নিয়ম বদলান
এসব দৃষ্টান্ত থেকেই বেশ বোঝা যায়, সাধারণ ভাবভূমিতে ঠাকুর যখন থাকতেন তখন তাঁর তীক্ষ্ণদৃষ্টির সামনে কোনো পদার্থের কোনোরকম ভাবই লুকিয়ে থাকতে পারত না। মানব-প্রকৃতির তো কথাই নেই, বাহ্য-প্রকৃতির অন্তর্গত যত কিছু পরিবর্তনও তাঁর দৃষ্টির সামনে নিজের রূপ গোপন রাখতে পারত না। অবশ্য যন্ত্রাদির সাহায্যে বাহ্য-প্রকৃতির যেসব পরিবর্তন ধরা বোঝা যায়, আমরা সেগুলির কথা এখানে বলছি না। আর এক আশ্চর্যের বিষয়, সাধারণ ভাবভূমিতে থাকার সময়ে বাহ্য-প্রকৃতির অন্তর্গত পদার্থগুলির যেসব অসাধারণ পরিবর্তন বা বিকাশ লোকের চোখে সচরাচর পড়ে না, সেইগুলিই যেন আগে ঠাকুরের নয়নগোচর হত! ঈশ্বরেচ্ছাতেই সৃষ্টির অন্তর্গত সকল পদার্থের সকলপ্রকার বিকাশ দেখা দেয়, অথবা তিনিই জগদন্তর্গত বস্তু ও ব্যক্তির ভাগ্যচক্রের সাক্ষাৎ নিয়ামক—এই ভাবটি ঠাকুরের প্রাণে প্রাণে প্রবিষ্ট করিয়ে দেওয়ার জন্যই যেন জগদম্বা ঠাকুরের সামনে সাধারণ নিয়মের বহির্ভূত ওই অসাধারণ প্রাকৃতিক বিকাশগুলি (exceptions) যখন তখন এনে ধরতেন! “যাঁর আইন (Law) অথবা যিনি আইন করেছেন, তিনি ইচ্ছা করলে যে আইন পালটে আবার অন্যরকম আইন করতে পারেন”—ঠাকুরের এই কথাগুলির অর্থ আমরা তাঁর বাল্যকাল থেকে হয়ে আসা এমন সব দর্শনেই স্পষ্ট পাই। দৃষ্টান্তস্বরূপ এ বিষয়ের কয়েকটি ঘটনা এখানে বললে মন্দ হবে না।
বজ্রনিবারক দণ্ডের কথায় ঠাকুরের নিজের দর্শনের কথা বলা—‘তেতলা বাড়ির কোলে কুঁড়েঘর, তাইতে বাজ পড়লো’
আমরা তখন কলেজে তড়িৎশক্তি সম্বন্ধে জড়বিজ্ঞান বর্তমান যুগে যা আবিষ্কার করেছে, তার কিছু কিছু পড়ে মুগ্ধ হচ্ছি। বালচপলতার বশে ঠাকুরের কাছে একদিন সেই প্রসঙ্গ তুলে নিজেদের মধ্যে নানা কথা বলছি। Electricity (তড়িৎ) কথাটি বারবার উচ্চারিত হচ্ছে লক্ষ করে ঠাকুর বালকের মতো ঔৎসুক্য প্রকাশ করে আমাদের জিজ্ঞাসা করলেন, “হাঁরে, তোরা ও-কী বলছিস? ইলেক্টিক্টিক্ মানে কী?” ইংরেজি কথাটির এমন বালকের মতো উচ্চারণ ঠাকুরের মুখে শুনে আমরা হাসতে লাগলাম। পরে তড়িৎশক্তির সাধারণ নিয়মগুলি তাঁকে বলে বজ্রনিবারক দণ্ডের (Lightning Conductor) উপকারিতা, সবচেয়ে উঁচু পদার্থের উপরেই বজ্রপতন হয়, এজন্য সেই দণ্ডের উচ্চতা বাড়ির উচ্চতার চেয়ে একটু বেশি হওয়া উচিত—ইত্যাদি নানা কথা শোনাতে লাগলাম। ঠাকুর আমাদের সব কথা মন দিয়ে শুনে বললেন, “কিন্তু আমি যে দেখেছি, তেতলা বাড়ির পাশে ছোট চালাঘর—শালার বাজ্ তেতলায় না পড়ে তাইতে এসে ঢুকল! তার কী করলি বল! ও সব কি একেবারে ঠিকঠাক বলা যায় রে! তাঁর (ঈশ্বরের বা জগদম্বার) ইচ্ছাতেই আইন, আবার তাঁর ইচ্ছাতেই উলটে পালটে যায়!” আমরাও সেবার মথুরবাবুর মতো ঠাকুরকে প্রাকৃতিক নিয়ম (Natural Laws) বোঝাতে গিয়ে ঠাকুরের সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে কী বলব কিছুই খুঁজে পেলাম না। বাজটা তেতলার দিকেই আকৃষ্ট হয়েছিল, কী একটা অজানা কারণে হঠাৎ তার গতি পরিবর্তিত হয়ে চালায় গিয়ে পড়েছে, অথবা নিয়মের এমন ব্যতিক্রম একটি-আধটিই হতে দেখা যায়, অন্যত্র হাজার জায়গায় আমরা যেমন বলছি তেমনি উঁচু পদার্থেই বজ্রপতন হয়—ইত্যাদি নানা কথা আমরা ঠাকুরকে বললেও প্রাকৃতিক ঘটনাবলি যে অনুল্লঙ্ঘনীয় নিয়মের বশে ঘটে, এ কথা তিনি কিছুতেই বুঝলেন না। বললেন, “হাজার জায়গায় তোরা যেমন বলচিস তেমনি না হয় হলো, কিন্তু দু-চার জায়গায় ঐরকম না হওয়াতেই ঐ আইন যে পালটে যায় এটা বোঝা যাচ্চে!”
রক্তজবার গাছে শ্বেতজবা-দর্শন
উদ্ভিদ-প্রকৃতির আলোচকেরা গ্রন্থে লিখে গেছেন, সর্বদা শ্বেত বা রক্তবর্ণের পুষ্পপ্রসবকারী উদ্ভিদগুলিতে কখনও কখনও তার ব্যতিক্রমও হয়! কিন্তু এমন হওয়া এত অসাধারণ যে, সাধারণ মানুষ তা কখনও দেখেনি বললেও অত্যুক্তি হয় না। ঠাকুরের জীবনের ঘটনা দেখো—প্রাকৃতিক নিয়ম সব সময় ঠিক থাকে না, ঈশ্বরেচ্ছায় অন্যরকম হয়—এই বিষয় নিয়ে যখন মথুরবাবুর সঙ্গে ঠাকুরের বাদানুবাদ হচ্ছিল, সেই সময়েই তেমন একটি দৃষ্টান্ত তাঁর দৃষ্টিগোচর হল এবং তিনি মথুরবাবুকে তা দেখিয়ে দিলেন।
প্রকৃতিগত অসাধারণ দৃষ্টান্তগুলি থেকেই ঠাকুরের ধারণা—জগৎ-সংসারটা জগদম্বার লীলাবিলাস
জীবন্ত পাথর দেখা, মনুষ্য-শরীরের মেরুদণ্ডের শেষ ভাগের অস্থি (Coccyx) পশুপুচ্ছের মতো অল্পস্বল্প বেড়ে পরে আবার তা কমে যেতে দেখা, স্ত্রীভাবের প্রাবল্যে পুরুষশরীরকে স্ত্রীশরীরের মতো যথাকালে সামান্যভাবে পুষ্পিত হতে এবং পরে সেই ভাবের প্রবলতা কমে গেলে তা বন্ধ হয়ে যেতে দেখা, প্রেতযোনি এবং দেবযোনিগত পুরুষদের দর্শন করা প্রভৃতি ঠাকুরের জীবনের এমন অনেক ঘটনা শুনেছি। জগৎপ্রসূতি প্রকৃতিকে (Nature) আমরা পাশ্চাত্যের অনুকরণে একেবারে বুদ্ধিশক্তিরহিত জড় বলে ধারণা করেছি বলেই এইসব অসাধারণ ঘটনাবলিকে প্রকৃতির অন্তর্গত কার্যকারণসম্বন্ধবিচ্যুত সহসা-উৎপন্ন ঘটনাবলি (Natural aberrations) নাম দিয়ে নিশ্চিন্ত হয়ে বসি এবং মনে করি, প্রকৃতি যেসব নিয়মে পরিচালিত, তার সবগুলিই বুঝতে পেরেছি। ঠাকুরের অন্যরকম ধারণা ছিল। তিনি দেখতেন—সমগ্র বাহ্যান্তঃ-প্রকৃতি জীবন্ত প্রত্যক্ষ জগদম্বার লীলাবিলাস ছাড়া আর কিছুই নয়। কাজেই সেইসব অসাধারণ ঘটনাবলিকে তাঁরই বিশেষ ইচ্ছাসম্ভূত বলে মনে করতেন। আর কিছু না হলেও, এই ধারণার ফলে ঠাকুরের মনে যে আমাদের চেয়ে অনেক বেশি শান্তি ও আনন্দ থাকত, এ কথা আর বোঝাতে হবে না। ঠাকুরের জীবনের এমন কিছু কিছু দৃষ্টান্ত আমরা আগে দিয়েছি এবং পরেও দেব। এখন যা দেওয়া হল, তা থেকেই পাঠক আমাদের বক্তব্য বিষয় বুঝতে পারবেন। অতএব আমরা আগের কথায় ফিরে যাই।
ঠাকুরের উচ্চ ভাবভূমি থেকে বিশেষ বিশেষ স্থানে প্রকাশিত ভাবের জমাটের পরিমাণ বোঝা
প্রত্যেক বস্তু এবং ব্যক্তিকে ঠাকুর ওই দুই ভাবে দেখে তবে সে সম্বন্ধে একটা স্থির ধারণা করতেন। আমাদের মতো কেবলমাত্র সাধারণ ভাবভূমি (ordinary plane of consciousness) থেকে দেখেই যা হয় একটা মতামত স্থির করতেন না। অতএব তীর্থভ্রমণ এবং সাধুদর্শনও যে ঠাকুরের সেই দুই ভাবে হয়েছিল, এ কথা আর বলতে হবে না। উচ্চ ভাবভূমি (higher plane of consciousness or super-consciousness) থেকে দেখেই ঠাকুর, কোন তীর্থে কতটা পরিমাণে উচ্চ ভাবের জমাট আছে, অথবা মানবমনকে উচ্চ ভাবে আরোহণ করানোর শক্তি কোন তীর্থের কতটা পরিমাণে আছে, তা অনুভব করতেন। ঠাকুরের রূপরসাদি-বিষয়সম্পর্কশূন্য, সর্বদা দেবতুল্য পবিত্র মন সেই সূক্ষ্ম বিষয় স্থির করার একটি অপূর্ব পরিচায়ক ও পরিমাপক যন্ত্র (detector) স্বরূপ ছিল। ঠাকুর তীর্থে বা দেবস্থানে গেলেই সেই মন উচ্চ ভাবভূমিতে উঠে সেসব স্থানের দিব্য প্রকাশ তাঁর সামনে উদ্ঘাটিত করত। উচ্চ ভাবভূমি থেকেই ঠাকুর কাশী স্বর্ণময় দেখেছিলেন, কাশীতে মৃত্যু হলে কী প্রকারে জীব সর্ববন্ধনবিমুক্ত হয়—তা বুঝতে পেরেছিলেন, শ্রীবৃন্দাবনে দিব্যভাবের বিশেষ প্রকাশ অনুভব করেছিলেন এবং নবদ্বীপে যে আজ পর্যন্ত শ্রীগৌরাঙ্গের সূক্ষ্মাবির্ভাব বর্তমান, তা প্রত্যক্ষ করেছিলেন।
চৈতন্যদেব বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাভূমিগুলি আবিষ্কার করেন—এই প্রসিদ্ধি
কথিত আছে, বৃন্দাবনের দিব্যভাবপ্রকাশ শ্রীচৈতন্যদেবই প্রথম অনুভব করেন। ব্রজের তীর্থাস্পদ স্থানগুলি তাঁর আবির্ভাবের আগে লুপ্তপ্রায় হয়ে গিয়েছিল। সেই সব স্থানে ভ্রমণকালে উচ্চ ভাবভূমিতে উঠে তাঁর মন যেখানে যেমন শ্রীকৃষ্ণের দিব্য প্রকাশ অনুভব বা প্রত্যক্ষ করত, সেখানেই যে ভগবান শ্রীকৃষ্ণ বহু পূর্ব যুগে বাস্তবিক তেমনই লীলা করেছিলেন—এ কথায় রূপসনাতনাদি তাঁর শিষ্যেরা প্রথম বিশ্বাস করেন এবং পরে তাঁদের মুখ থেকে শুনে সমগ্র ভারতবাসী তাতে বিশ্বাসী হয়েছে। শ্রীচৈতন্যদেবের ওইভাবে বৃন্দাবন-আবিষ্কারের কথা আমরা কিছুই বুঝতে পারতাম না। তেমন হওয়া যে সম্ভবপর, এ কথা একেবারেই মনে স্থান দিতাম না। উচ্চ ভাবভূমিতে উঠে বস্তু বা ব্যক্তিকে এমন যথাযথভাবে ধরার, বোঝার যে ক্ষমতা ঠাকুরের মনের ছিল, তা দেখেই এখন আমরা সে কথায় সামান্য একটু বিশ্বাস করতে পেরেছি। ঠাকুরের জীবন থেকে এ বিষয়ের দুই-একটি দৃষ্টান্ত এখানে দিলেই পাঠক আমাদের কথা বুঝতে পারবেন।
ঠাকুরের জীবনে তেমন ঘটনা—বন-বিষ্ণুপুরে ৺মৃন্ময়ী দেবীর পূর্বমূর্তি ভাবে দর্শন
ঠাকুরের ভাগনে হৃদয়ের বাড়ি কামারপুকুরের অনতিদূরে সিহড় গ্রামে ছিল। ঠাকুর যে সেখানে মধ্যে মধ্যে গিয়ে সময়ে সময়ে কিছুকাল কাটিয়ে আসতেন, এ কথা আমরা ইতিপূর্বেই পাঠককে জানিয়েছি। একবার সেখানে ঠাকুর রয়েছেন, এমন সময়ে হৃদয়ের ছোট ভাই রাজারামের সঙ্গে গ্রামের এক লোকের বিষয়কর্ম নিয়ে বচসা বাধল। বকাবকি ক্রমে হাতাহাতিতে গড়াল এবং রাজারাম হাতের কাছেই একটি হুঁকা পেয়ে তা দিয়ে সেই লোকটির মাথায় আঘাত করল। আহত লোকটি ফৌজদারি মোকদ্দমা রুজু করল, আর ঠাকুরের সামনেই সেই ঘটনা হওয়ায় এবং তাঁকে সাধু সত্যবাদী বলে আগে থেকে জানা থাকায় সে ঠাকুরকেই ওই মামলায় সাক্ষী মানল। কাজেই সাক্ষ্য দেওয়ার জন্য ঠাকুরকে বন-বিষ্ণুপুরে আসতে হল। আগে থেকেই ঠাকুর রাজারামকে ওইভাবে ক্রোধান্ধ হওয়ার জন্য বিশেষভাবে ভর্ৎসনা করে আসছিলেন; এখানে এসে আবার বললেন, “ওকে (বাদীকে) টাকাকড়ি দিয়ে যেমন করে পারিস মকদ্দমা মিটিয়ে নে; নয়তো তোর ভাল হবে না; আমি তো আর মিথ্যা বলতে পারব না। জিজ্ঞাসা করলেই যা জানি ও দেখেছি সব কথা বলে দেব।” কাজেই রাজারাম ভয় পেয়ে মামলা আপসে মিটিয়ে ফেলতে লেগে গেল।
ঠাকুরও সেই সুযোগে বন-বিষ্ণুপুর শহরটি দেখতে বেরোলেন।
বিষ্ণুপুর শহরের অবস্থা
এককালে এই স্থান বিশেষ সমৃদ্ধিশালী ছিল। লাল-বাঁধ, কৃষ্ণ-বাঁধ প্রভৃতি বড় বড় দিঘি, অসংখ্য দেবমন্দির, যাতায়াতের সুবিধার জন্য পরিষ্কার চওড়া বাঁধানো পথ, বহুসংখ্যক বিপণিপূর্ণ বাজার, অসংখ্য ভগ্নমন্দির-স্তূপ, এবং বহুসংখ্যক লোকের বাস ও ব্যবসা-বাণিজ্য করতে আনাগোনা থেকেই এ কথা স্পষ্ট বোঝা যায়। বিষ্ণুপুরের রাজারা এককালে বেশ প্রতাপশালী ধর্মপরায়ণ এবং বিদ্যানুরাগী ছিলেন। বিষ্ণুপুর এককালে সংগীতবিদ্যার চর্চাতেও প্রসিদ্ধ ছিল।
৺মদনমোহন
রূপসনাতনাদি শ্রীচৈতন্যদেবের প্রধান সাঙ্গোপাঙ্গদের তিরোভাবের কিছুকাল পর থেকে রাজবংশীয়েরা বৈষ্ণবমতাবলম্বী হন। কলিকাতার বাগবাজার পাড়ায় প্রতিষ্ঠিত ৺মদনমোহন বিগ্রহ আগে এখানকার রাজাদেরই ঠাকুর ছিলেন। ৺গোকুলচন্দ্র মিত্র এখানকার রাজাদের এক সময়ে অনেক টাকা ধার দিয়েছিলেন এবং ঠাকুরটি দেখে মোহিত হয়ে ঋণ পরিশোধের সময় টাকা না নিয়ে ঠাকুরটি চেয়ে নিয়েছিলেন, এমন প্রসিদ্ধি আছে।
৺মৃন্ময়ী
৺মদনমোহন ছাড়া রাজাদের প্রতিষ্ঠিত ৺মৃন্ময়ী নামে এক বহু প্রাচীন দেবীমূর্তিও ছিলেন। লোকে বলত, ৺মৃন্ময়ী দেবী বড় জাগ্রতা। রাজবংশীয়দের ভগ্নদশায় সেই মূর্তি এক সময়ে এক পাগলিনীর হাতে ভেঙে যায়। রাজবংশীয়েরা সেজন্য পূর্বমূর্তির মতো অন্য একটি নতুন মূর্তি পুনঃস্থাপন করেন।
ঠাকুর এখানকার অপর দেবস্থানগুলি দেখে ৺মৃন্ময়ী দেবীকে দর্শন করতে যাচ্ছিলেন। পথে এক জায়গায় ভাবাবেশে ৺মৃন্ময়ীর মুখখানি দেখতে পেলেন। মন্দিরে গিয়ে দেখলেন, সেই নবপ্রতিষ্ঠিত মূর্তিটি তাঁর ভাবাবেশে দেখা মূর্তিটির মতো নয়। এমন হওয়ার কারণ কিছুই বুঝলেন না। পরে খোঁজ করে জানা গেল, বাস্তবিকই নতুন মূর্তিটি পুরোনো মূর্তিটির মতো হয়নি। নতুন মূর্তির কারিগর নিজের গুণপনা দেখানোর জন্য তার মুখখানি সত্যিই অন্য ভাবে গড়েছে, এবং পুরোনো মূর্তিটির ভাঙা মুখখানি এক ব্রাহ্মণ সযত্নে নিজের বাড়িতে রেখে দিয়েছেন। এর কিছুকাল পরে সেই ভক্তিনিষ্ঠাসম্পন্ন ব্রাহ্মণ ওই মুখখানি জুড়ে অন্য একটি মূর্তি গড়িয়ে লাল-বাঁধ দিঘির পাশে এক রমণীয় স্থানে প্রতিষ্ঠা করলেন এবং তার নিত্যপূজাদি করতে লাগলেন।
ঠাকুরের এভাবে ব্যক্তিগত ভাব ও উদ্দেশ্য ধরার ক্ষমতা—১ম দৃষ্টান্ত
যাঁরা তাঁর কাছে আসতেন, তাঁদের আগমনের উদ্দেশ্য ও ভাব ধরার ক্ষমতা সম্বন্ধে একটি দৃষ্টান্তও এখানে দেওয়া ভালো। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দকে ঠাকুর নিজের পুত্রের মতো ভালোবাসতেন, এ কথা আমরা আগেই উল্লেখ করেছি। একদিন দক্ষিণেশ্বরে তিনি ঠাকুরের ঘরের পূর্বদিকের লম্বা বারান্দার উত্তরাংশে দাঁড়িয়ে ঠাকুরের সঙ্গে নানা কথা বলছেন, এমন সময় দেখতে পেলেন, বাগানের ফটকের দিক থেকে একখানি জুড়িগাড়ি তাঁদের দিকে আসছে। গাড়িখানি ফিটন; ভিতরে কয়েকজন বাবু বসে আছেন। দেখেই তিনি বুঝতে পারলেন, গাড়িটি কলিকাতার একজন প্রসিদ্ধ ধনী ব্যক্তির। ঠাকুরকে দর্শন করতে সে সময় কলিকাতা থেকে অনেকে আসতেন। এঁরাও সেজন্যই এসেছেন ভেবে তিনি বিস্মিত হলেন না।
ঠাকুরের দৃষ্টি কিন্তু গাড়ির দিকে পড়ামাত্র তিনি ভয়ে জড়সড় হয়ে শশব্যস্তে অন্তরালে নিজের ঘরে গিয়ে বসলেন। তাঁর এমন ভাব দেখে বিস্মিত হয়ে ব্রহ্মানন্দ স্বামীও তাঁর পিছন পিছন ঘরে ঢুকলেন। ঠাকুর তাঁকে দেখেই বললেন, “যা—যা, ওরা এখানে আসতে চাইলে বলিস, এখন দেখা হবে না।” ঠাকুরের সে কথা শুনে তিনি আবার বাইরে এলেন। ইতিমধ্যে আগন্তুকেরাও কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলেন, “এখানে একজন সাধু থাকেন, না?” ব্রহ্মানন্দ স্বামী শুনে ঠাকুরের নাম করে বললেন, “হ্যাঁ, তিনি এখানে থাকেন। আপনারা তাঁর কাছে কী প্রয়োজনে এসেছেন?” তাঁদের ভিতর এক ব্যক্তি বললেন, “আমাদের এক আত্মীয়ের বিষম অসুখ হয়েছে; কিছুতেই সারছে না। তাই ইনি (সাধু) যদি কোনো ওষুধ দয়া করে দেন, সেজন্য এসেছি।” স্বামী ব্রহ্মানন্দ বললেন, “আপনারা ভুল শুনেছেন। ইনি তো কখনও কাউকে ওষুধ দেন না। বোধ হয় আপনারা দুর্গানন্দ ব্রহ্মচারীর কথা শুনেছেন। তিনি ওষুধ দেন বটে। তিনি ওই পঞ্চবটীতে কুটিরে আছেন। গেলেই দেখা হবে।”
আগন্তুকেরা সে কথা শুনে চলে গেলে ঠাকুর ব্রহ্মানন্দ স্বামীকে বললেন, “ওদের ভেতর কী যে একটা তমোভাব দেখলুম! —দেখেই আর ওদের দিকে চাইতে পারলুম না; তা কথা কইব কী! ভয়ে পালিয়ে এলুম!”
এভাবে উচ্চ ভাবভূমিতে উঠে ঠাকুরকে প্রত্যেক স্থান, বস্তু বা ব্যক্তির অন্তর্গত উচ্চাবচ ভাবপ্রকাশ উপলব্ধি করতে আমরা নিত্য প্রত্যক্ষ করতাম। ঠাকুর যেমন দেখতেন, সেগুলির ভিতরে বাস্তবিকই তেমন ভাব যে বিদ্যমান, তা বারংবার অনুসন্ধান করে দেখেই আমরা তাঁর কথায় বিশ্বাসী হয়েছি। তার মধ্যে আরও দুই-একটি এখানে উল্লেখ করার পর, সাধারণ ভাবভূমি থেকে তিনি তীর্থাদিতে কী অনুভব করেছিলেন, তা-ই পাঠককে বলতে আরম্ভ করব।
এ বিষয়ে ২য় দৃষ্টান্ত—স্বামী বিবেকানন্দ ও তাঁর দক্ষিণেশ্বরে আগত সহপাঠীরা
উদারচেতা স্বামী বিবেকানন্দের মন বাল্যকাল থেকে পরদুঃখে কাতর হত। সেজন্য তিনি যাতে বা যাঁর সাহায্যে নিজেকে কোনো বিষয়ে উপকৃত বোধ করতেন, নিজের আত্মীয় বন্ধুবান্ধব সকলকে সর্বদা তা করতে বা তেমন সাহায্য পাওয়ার জন্য তাঁর কাছে যেতে উৎসাহিত করতেন। লেখাপড়া ধর্মকর্ম সব বিষয়েই স্বামীজীর মনের এই রীতি ছিল। কলেজে পড়ার সময় সহপাঠীদের নিয়ে নানা স্থানে নির্দিষ্ট দিনে প্রার্থনা ও ধ্যানাদি-অনুষ্ঠানের জন্য সভা-সমিতি গঠন করা, মহর্ষি দেবেন্দ্রনাথ ও ভক্তাচার্য কেশবের সঙ্গে স্বয়ং পরিচিত হওয়ার পরেই সহপাঠীদের ভিতর অনেককে ওঁদের দর্শনের জন্য নিয়ে যাওয়া প্রভৃতি, যৌবনে পদার্পণ করেই স্বামীজী জীবনে যেসব কাজ করেছিলেন, সেগুলি দেখে আমরা এই বিষয়ের পরিচয় পাই।
ঠাকুরের পুণ্যদর্শন লাভ করে তাঁর অদৃষ্টপূর্ব ত্যাগ, বৈরাগ্য ও ঈশ্বরপ্রেমের পরিচয় পাওয়ার পর থেকে নিজের সহপাঠী বন্ধুদের তাঁর কাছে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে পরিচিত করিয়ে দেওয়া স্বামীজীর জীবনে একপ্রকার ব্রত হয়ে উঠেছিল। আমরা এ কথা বলছি বলে কেউ যেন না ভেবে বসেন যে, বুদ্ধিমান স্বামীজী একদিনের আলাপে কারও প্রতি আকৃষ্ট হলেই তাকে ঠাকুরের কাছে নিয়ে যেতেন। অনেকদিন পরিচয়ের ফলে যাদের সৎস্বভাবসম্পন্ন এবং ধর্মানুরাগী বলে বুঝতেন, তাদেরই সঙ্গে করে দক্ষিণেশ্বরে নিয়ে যেতেন।
‘চেষ্টা করলেই যার যা ইচ্ছা হ’তে পারে না’
স্বামীজী এভাবে অনেকগুলি বন্ধুবান্ধবকেই তখন ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন; কিন্তু ঠাকুরের দিব্যদৃষ্টি যে তাদের অন্তর দেখে অন্যরকম সিদ্ধান্তে উপনীত হয়েছিল, এ কথা আমরা ঠাকুর ও স্বামীজী উভয়েরই মুখে সময়ে সময়ে শুনেছি। স্বামীজী বলতেন, “ঠাকুর আমাকে গ্রহণ করে ধর্মসম্বন্ধীয় শিক্ষাদি দান করে আমার উপর যেমন কৃপা করতেন, তাদের উপর তেমন কৃপা করতেন না বলে আমি তাঁকে সেরকম করার জন্য পীড়াপীড়ি করে ধরে বসতাম। বালস্বভাবের বশে অনেক সময় তাঁর সঙ্গে কোমর বেঁধে তর্ক করতেও উদ্যত হতাম! বলতাম, ‘কেন মহাশয়, ঈশ্বর তো আর পক্ষপাতী নন যে, একজনকে কৃপা করবেন এবং আর একজনকে কৃপা করবেন না? তবে কেন আপনি ওদের আমার মতো গ্রহণ করবেন না? ইচ্ছা ও চেষ্টা করলে সকলেই যেমন বিদ্বান পণ্ডিত হতে পারে, ধর্মলাভ ঈশ্বরলাভও যে তেমনি করতে পারে, এ কথা তো নিশ্চয়।’ তা শুনে ঠাকুর বলতেন, ‘কী করব রে—আমাকে মা যে দেখিয়ে দিচ্চে, ওদের ভেতর ষাঁড়ের মতো পশুভাব রয়েছে, ওদের এ জন্মে ধর্মলাভ হবে না—তা আমি কী করব? তোর ও কী কথা? ইচ্ছা ও চেষ্টা করলেই কি লোকে এ জন্মে যা ইচ্ছা তাই হতে পারে?’ ঠাকুরের ও কথা তখন শোনে কে? আমি বলতাম, ‘সে কী মশায়, ইচ্ছা ও চেষ্টা করলে যার যা ইচ্ছা তা হতে পারে না? নিশ্চয়ই পারে। আমি আপনার ও কথায় বিশ্বাস করতে পারছি না।’ ঠাকুরের তাতেও সেই কথা—‘তুই বিশ্বাস করিস আর নাই করিস, মা যে আমায় দেখিয়ে দিচ্চে!’ আমিও তখন তাঁর কথা কিছুতেই স্বীকার করতুম না। তার পর যত দিন যেতে লাগল, দেখে-শুনে তত বুঝতে লাগলুম—ঠাকুর যা বলেছেন তাই সত্য, আমার ধারণাই মিথ্যা।”
৩য় দৃষ্টান্ত—পণ্ডিত শশধরকে দেখতে গিয়ে ঠাকুরের জলপান করা
স্বামীজী বলতেন—এভাবে যাচিয়ে বাজিয়ে নিয়ে তবে তিনি ঠাকুরের সব কথায় ক্রমে ক্রমে বিশ্বাসী হতে পেরেছিলেন। ঠাকুরের প্রত্যেক কথা ও ব্যবহার এভাবে পরীক্ষা করে নেওয়া সম্বন্ধে আর একটি ঘটনার কথা আমরা স্বামীজীর কাছ থেকে যেমন শুনেছি, এখানে বললে মন্দ হবে না। ১৮৮৫ খ্রিস্টাব্দের রথযাত্রার দিনে ঠাকুর স্বামীজীর কাছ থেকে শুনে পণ্ডিত শশধর তর্কচূড়ামণিকে দেখতে গিয়েছিলেন।[2] শ্রীশ্রীজগদম্বার কাছ থেকে সাক্ষাৎ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিই যথার্থ ধর্মপ্রচারে সক্ষম, অন্য সব প্রচারক-নামধারীর বাগাড়ম্বর বৃথা—পণ্ডিতজীকে এমন নানা উপদেশ দানের পর ঠাকুর পান করার জন্য এক গেলাস জল চাইলেন। ঠাকুর যথার্থই তৃষ্ণার্ত হয়ে ওভাবে জল চাইলেন, না তাঁর অন্য উদ্দেশ্য ছিল, তা আমরা ঠিক বলতে পারি না। কারণ, ঠাকুর অন্য এক সময়ে আমাদের বলেছিলেন যে, সাধু সন্ন্যাসী অতিথি ফকিরেরা কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে যা হয় কিছু খেয়ে না এলে তাতে গৃহস্থের অকল্যাণ হয়; এবং সেজন্য তিনি যার বাড়িতেই যান না কেন, তারা না বললে বা ভুলে গেলেও স্বয়ং তাদের কাছ থেকে চেয়ে নিয়ে কিছু না কিছু খেয়ে আসেন।
সে যা হোক, এখানে জল চাওয়ামাত্র তিলক কণ্ঠি প্রভৃতি ধর্মলিঙ্গধারী এক ব্যক্তি সসম্ভ্রমে ঠাকুরকে এক গেলাস জল এনে দিলেন। ঠাকুর কিন্তু সেই জল পান করতে গিয়েও পান করতে পারলেন না। পাশের অন্য একজন লোক তা দেখে গেলাসের জলটি ফেলে দিয়ে আর এক গেলাস জল এনে দিল এবং ঠাকুরও তার একটু পান করে পণ্ডিতজীর কাছ থেকে সেদিনকার মতো বিদায় নিলেন। সকলে বুঝল, আগে আনা জলে কিছু পড়েছিল বলেই ঠাকুর তা পান করলেন না।
স্বামীজী বলতেন—তিনি তখন ঠাকুরের অতি কাছেই বসেছিলেন, সেজন্য ভালো করেই দেখেছিলেন, গেলাসের জলে কুটোকাটা কিছুই পড়েনি, অথচ ঠাকুর তা পান করতে আপত্তি করেছিলেন। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে স্বামীজী মনে মনে স্থির করলেন, তবে বোধ হয় জলের গেলাসটি স্পর্শদোষে দুষ্ট হয়েছে! কারণ আগেই তিনি ঠাকুরকে বলতে শুনেছিলেন যে, যাদের ভিতর বিষয়-বুদ্ধি অত্যন্ত প্রবল, যারা জুয়াচুরি বাটপাড়ি এবং অপরের অনিষ্ট করে অসদুপায়ে উপার্জন করে এবং যারা কাম-কাঞ্চন-লাভের সহায় হবে বলে বাইরে ধর্মের ভেক ধরে লোককে প্রতারণা করে, তারা কোনো খাদ্যপানীয় এনে দিলে তাঁর হাত তা নিতে গেলেও কিছুদূর গিয়ে আর এগোয় না, পিছনে গুটিয়ে আসে এবং তিনি তা তৎক্ষণাৎ বুঝতে পারেন!
স্বামীজী বলতেন—সে কথা মনে জাগামাত্র তিনি সেই বিষয়ের সত্যাসত্য নির্ধারণ করতে দৃঢ়সংকল্প হলেন, এবং ঠাকুর স্বয়ং তাঁকে সেদিন তাঁর সঙ্গে আসতে অনুরোধ করলেও তিনি ‘একটা বিশেষ দরকার আছে, সেজন্য যেতে পারছি না’ বলে বুঝিয়ে ঠাকুরকে গাড়িতে তুলে দিলেন। ঠাকুর চলে গেলে, ওই ধর্মলিঙ্গধারী ব্যক্তির ছোট ভাইয়ের সঙ্গে আগে থেকে পরিচয় থাকায় স্বামীজী তাকে একান্তে ডেকে তার দাদার চরিত্র সম্বন্ধে প্রশ্ন করতে লাগলেন। স্বামীজী এভাবে জিজ্ঞাসা করলে লোকটি বিশেষ ইতস্তত করে অবশেষে বলল, ‘দাদার দোষের কথা কেমন করে বলি’ ইত্যাদি। স্বামীজী বলতেন, “আমি তাতেই বুঝে নিলাম। পরে সেই বাড়ির আর একজন পরিচিত লোককে জিজ্ঞাসা করে সব কথা জেনে সে বিষয়ে নিঃসংশয় হলাম এবং অবাক হয়ে ভাবতে লাগলাম—ঠাকুর কেমন করে লোকের অন্তরের কথা এভাবে জানতে পারেন!”
ঠাকুরের মানসিক গঠন কী ধরনের ছিল এবং কোন বিষয়টি দিয়ে তিনি সকল বস্তু ও ব্যক্তিকে পরিমাপ করে তাদের মূল্য বুঝতেন
সাধারণ ভাবভূমিতে থাকার সময় ঠাকুর যেভাবে সকল পদার্থের অন্তর্নিহিত গুণাগুণ ধরতেন ও বুঝতেন, তার পরিচয় পেতে হলে আমাদের প্রথমে তাঁর মানসিক গঠন কী প্রকারের ছিল, তা বুঝতে হবে এবং পরে কোন পদার্থটিকে পরিমাপকরূপে সর্বদা স্থির রেখে তিনি অপর বস্তু ও বিষয়গুলি পরিমাপ করে সেগুলি সম্বন্ধে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হতেন, তা-ও ধরতে হবে। লীলাপ্রসঙ্গে স্থানে স্থানে এ বিষয়ের কিছু কিছু আভাস আমরা পাঠককে ইতিপূর্বেই দিয়েছি। অতএব এখন সংক্ষেপে তার উল্লেখমাত্র করলেই চলবে। আমরা দেখেছি, ঠাকুরের মন পার্থিব কোনো পদার্থে আসক্ত না থাকায় তিনি যখনই যা গ্রহণ বা ত্যাগ করবেন মনে করেছেন, তখনই সেই মন সে বিষয়ে সম্যক যুক্ত বা তা থেকে সম্যক পৃথক হয়ে দাঁড়িয়েছে। পৃথক হওয়ার পর ঠাকুর আজীবন আর সে বিষয়ের দিকে একবারও ফিরে দেখেননি। আবার ঠাকুরের অদৃষ্টপূর্ব নিষ্ঠা, অদ্ভুত বিচারশীলতা এবং ঐকান্তিক একাগ্রতা তাঁর মনের হাত সর্বদা ধরে তাকে যাতে ইচ্ছা, যতদিন ইচ্ছা এবং যেখানে ইচ্ছা স্থিরভাবে রেখেছে। একক্ষণের জন্যও তাকে সেই বিষয়ের বিপরীত চিন্তা বা কল্পনা করতে দেয়নি। কোনো বিষয় ত্যাগ বা গ্রহণ করতে যাওয়ামাত্র এ মনের একভাগ বলে উঠত, ‘কেন অমন করছ, তা বলো।’ আর যদি সেই প্রশ্নের যথাযথ যুক্তিসহ মীমাংসা পেত, তবেই বলত, ‘বেশ কথা, তাই করো।’ আবার সেই সিদ্ধান্তে উপনীত হওয়ামাত্র সেই মনের অন্য একভাগ বলে উঠত, ‘তবে পাকা করে ওটা ধরো; শয়নে, স্বপনে, ভোজনে, বিরামে কখনও তার বিপরীত আচরণ আর করতে পারবে না।’ তারপর তাঁর সমগ্র মন এক তানে সেই বিষয় গ্রহণ করে তার অনুকূল আচরণ করতে থাকত এবং নিষ্ঠা প্রহরীরূপে এমন সতর্কভাবে সে বিষয়ে মনের কার্যকলাপ সর্বদা দেখত যে, সহসা ভুলে ঠাকুর তার বিপরীত আচরণ করতে গেলে স্পষ্ট বোধ করতেন, ভিতর থেকে কে যেন তাঁর ইন্দ্রিয়গুলিকে বেঁধে রেখেছে—তেমন আচরণ করতে দিচ্ছে না। সকল বস্তু ও ব্যক্তির সঙ্গে ঠাকুরের আজীবন ব্যবহার আলোচনা করলেই আমাদের এই কথাগুলি হৃদয়ঙ্গম হবে।
এ বিষয়ে দৃষ্টান্ত—“চাল-কলা-বাঁধা বিদ্যায় আমার কাজ নেই”
দেখো না—বালক গদাধর কয়েকদিন পাঠশালে যেতে না যেতে বলে বসলেন, “ও চাল-কলা-বাঁধা বিদ্যাতে আমার কাজ নাই, ও বিদ্যা আমি শিখব না!” ঠাকুরের অগ্রজ রামকুমার, ভাই উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে ভেবে, কিছুকাল পরে বুঝিয়ে সুঝিয়ে কলিকাতায় নিজের টোলে, নিজ তত্ত্বাবধানে রেখে সেই বিদ্যা শেখানোর প্রয়াস পেলেও ঠাকুরের অর্থকরী বিদ্যা সম্বন্ধে বাল্যকালের সেই মত ফেরাতে পারলেন না। শুধু তাই নয়, অগ্রজ যে নিষ্ঠাচারী পণ্ডিত হয়ে টোল খুলে যথাসাধ্য শিক্ষাদান করেও পরিবারের সকলের অন্নবস্ত্রের অভাব মেটাতে পারেননি বলেই অনন্যোপায় হয়ে রানী রাসমণির দেবালয়ে পৌরোহিত্য গ্রহণ করেছেন—এ কথাও ঠাকুরের কাছে লুকোনো রইল না, এবং ধনীদের তোষামোদ করে উপার্জন করার চেয়ে অগ্রজের এই কাজ অনেক ভালো বুঝে তিনি তা অনুমোদনও করলেন।
২য় দৃষ্টান্ত—ধ্যান করতে বসামাত্র শরীরের সন্ধিস্থলগুলিতে কারও যেন চাবি লাগিয়ে বন্ধ করে দেওয়া—এই অনুভব ও শূলধারী এক ব্যক্তিকে দেখা
দেখো না—সাধনকালে ঠাকুর ধ্যান করতে বসামাত্র তাঁর অনুভব হতে লাগল, তাঁর শরীরের প্রত্যেকটি সন্ধিস্থানে খটখট করে আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেল। তিনি যে ভাবে আসন করে বসেছেন, সেই ভাবে অনেকক্ষণ তাঁকে বসিয়ে রাখার জন্য কে যেন ভিতর থেকে সেই জায়গাগুলিতে চাবি লাগিয়ে দিল। যতক্ষণ না আবার সে খুলে দিল, ততক্ষণ হাত পা ঘাড় কোমর প্রভৃতি স্থানের সন্ধিগুলি তিনি আমাদের মতো ফেরাতে, ঘোরাতে, যেমন ইচ্ছা ব্যবহার করতে চেষ্টা করলেও কিছুকাল আর পারলেন না! অথবা দেখলেন, শূলহস্তে এক ব্যক্তি কাছে বসে রয়েছে এবং বলছে, ‘যদি ঈশ্বরচিন্তা ছাড়া অন্য চিন্তা করবি তো এই শূল তোর বুকে বসিয়ে দেব!’
৩য় দৃষ্টান্ত—জগদম্বার পাদপদ্মে ফুল দিতে গিয়ে নিজের মাথায় দেওয়া ও পিতৃ তর্পণ করতে গিয়ে তা করতে না পারা। নিরক্ষর ঠাকুরের আধ্যাত্মিক অনুভবগুলির দ্বারা বেদাদি শাস্ত্র সপ্রমাণ হয়
দেখো না—পূজা করতে বসে নিজেকে জগদম্বার সঙ্গে অভেদজ্ঞান করতে বলামাত্র মন তা-ই করতে লাগল; জগদম্বার পাদপদ্মে বিল্বজবা দিতে গেলেও ঠাকুরের হাত তখন কে যেন ঘুরিয়ে তাঁর নিজের মাথার দিকেই টেনে নিয়ে চলল!
অথবা দেখো—সন্ন্যাস-দীক্ষা গ্রহণ করামাত্র মন সর্বভূতে এক অদ্বৈত ব্রহ্মদর্শন করতেই থাকল। অভ্যাসবশত ঠাকুর তখন পিতৃতর্পণ করতে গেলে হাত আড়ষ্ট হয়ে গেল, অঞ্জলিবদ্ধ করে হাতে জল তুলতেই পারলেন না! অগত্যা বুঝলেন, সন্ন্যাসগ্রহণে তাঁর কর্ম উঠে গেছে! এমন ভূরি ভূরি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যাতে স্পষ্ট বোঝা যায় যে, অনাসক্তি, বিচারশীলতা, একাগ্রতা ও নিষ্ঠা এ মনের পক্ষে কত সহজ, কত স্বাভাবিক ছিল। আর বোঝা যায় যে, ঠাকুরের এই সব দর্শন শাস্ত্রে লিপিবদ্ধ কথার অনুরূপ হওয়ায় শাস্ত্র যা বলেন তা সত্য। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ বলতেন—এবার ঠাকুরের নিরক্ষর হয়ে আগমনের কারণ এটাই; হিন্দুর বেদবেদান্ত থেকে অন্যান্য জাতির যাবতীয় ধর্মগ্রন্থে নিবদ্ধ আধ্যাত্মিক অবস্থাগুলির কথা যে সত্য এবং বাস্তবিকই যে মানুষ সেই সব পথ দিয়ে চলে সেই সব অবস্থা লাভ করতে পারে, এটাই প্রমাণ করবেন বলে।
অদ্বৈতভাব লাভ করাই মানবজীবনের উদ্দেশ্য। সেই ভাবে ‘সব শেয়ালের এক রা।’ শ্রীচৈতন্যের ভক্তি বাইরের দাঁত ও অদ্বৈতজ্ঞান ভিতরের দাঁত ছিল। অদ্বৈতজ্ঞানের তারতম্য ধরেই ঠাকুর ব্যক্তি ও সমাজে উচ্চাবচ অবস্থা স্থির করতেন
ঠাকুরের মনের স্বভাব আলোচনা করতে গেলে এ কথা স্পষ্ট বোঝা যায় যে, নির্বিকল্প ভূমিতে উঠে অদ্বৈতভাবে ঈশ্বরোপলব্ধিতেই মানবজীবন চরমে এসে পৌঁছয়। আবার সেই ভূমিতে লব্ধ আধ্যাত্মিক দর্শন সম্বন্ধে ঠাকুর বলতেন, ‘সব শেয়ালের এক রা’; অর্থাৎ সব শিয়ালই যেমন একভাবে শব্দ করে, তেমনই নির্বিকল্প ভূমিতে যাঁরাই উঠতে পেরেছেন, তাঁরা প্রত্যেকেই সেই ভূমি থেকে দর্শন করে জগৎকারণ ঈশ্বর সম্বন্ধে এক কথাই বলে গেছেন। প্রেমাবতার শ্রীচৈতন্য সম্বন্ধেও ঠাকুর বলতেন, “হাতির বাহিরের দাঁত যেমন শত্রুকে মারবার জন্য এবং ভিতরের দাঁত নিজের খাবার জন্য, সেই রকম মহাপ্রভুর দ্বৈতভাব বাহিরের ও অদ্বৈতভাব ভিতরের জিনিস ছিল।” অতএব সর্বদা একরূপ অদ্বৈতভাবই যে ঠাকুরের সকল বিষয়ের পরিমাপক ছিল, এ কথা আর বলতে হবে না। ব্যক্তি ও ব্যক্তির সমষ্টি সমাজকে যে ভাব ও অনুষ্ঠান সেই ভূমির দিকে যত অগ্রসর করিয়ে দিত, ততই ঠাকুর সেই ভাব ও অনুষ্ঠানকে অন্য সকল ভাব ও অনুষ্ঠানের চেয়ে উচ্চ বলে সিদ্ধান্ত করতেন।
স্বসংবেদ্য ও পরসংবেদ্য দর্শন
আবার ঠাকুরের আধ্যাত্মিকভাবপ্রসূত দর্শনগুলি আলোচনা করলে দেখা যায়, তার কতকগুলি স্বসংবেদ্য এবং কতকগুলি পরসংবেদ্য। অর্থাৎ তার কতকগুলি হল ঠাকুরের নিজ শরীরাবদ্ধ মনের চিন্তা, যা নিষ্ঠা ও অভ্যাসের সাহায্যে ঘনীভূত হয়ে মূর্তি ধারণ করে তাঁর কাছে সেই রূপে প্রকাশিত হত এবং ঠাকুর নিজেই দেখতে পেতেন; এবং কতকগুলি তিনি উচ্চ থেকে উচ্চতর ভাবভূমিতে উঠে নির্বিকল্প ভাবভূমির নিকটস্থ হওয়ার সময় বা ভাবমুখে অবস্থিত হয়ে দেখে, অন্যদের তা অজানা হলেও বর্তমানে বিদ্যমান বা ভবিষ্যতে ঘটবে বলে প্রকাশ করতেন এবং অন্যেরা সেগুলিকে কালে বাস্তবিকই ঘটতে দেখত! ঠাকুরের প্রথম শ্রেণির দর্শনগুলি সত্য বলে উপলব্ধি করতে হলে অপরকে তাঁর মতো বিশ্বাস, শ্রদ্ধা ও নিষ্ঠাদিসম্পন্ন হতে বা ঠাকুর যে ভূমিতে উঠে সেই সব দর্শন করেছেন, সেই ভূমিতে উঠতে হত, এবং দ্বিতীয় শ্রেণির দর্শনগুলিকে সত্য বলে বুঝতে হলে লোকের বিশ্বাস বা অন্য কোনো সাধনাদির আবশ্যক হত না—সেগুলি যে সত্য, তা ফল দেখে লোককে বিশ্বাস করতেই হত।
বস্তু ও ব্যক্তিদের অবস্থা সম্বন্ধে স্থির সিদ্ধান্তে না এসে ঠাকুরের মন নিশ্চিন্ত থাকতে পারত না
সে যা-ই হোক, ঠাকুরের মানসিক প্রকৃতি সম্বন্ধে আমরা আগে যা বলেছি এবং এখন যে সব কথা উপরে বলে এলাম, তা থেকেই আমরা বুঝতে পারি, সাধারণ ভাবভূমিতে থাকার সময়েও এমন মন নিশ্চিন্ত থাকার নয়। যে সব বস্তু ও ব্যক্তির সংস্পর্শে সেই মন একক্ষণের জন্যও আসত, তাদের স্বভাব, রীতিনীতি সম্বন্ধে আলোচনা করে একটা বিশেষ সিদ্ধান্তে উপনীত না হয়ে সে কখনও স্থির থাকতে পারত না। বাল্যকালে সেই মন যেমন ধরে ফেলেছিল যে, বর্তমান সময়ে পণ্ডিতদের শাস্ত্রালোচনা অর্থের জন্যই, আর তাই ‘চাল-কলা-বাঁধা’ বিদ্যা শেখেনি, তেমনই ঠাকুরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা স্থানে নানা লোকের সংস্পর্শে এসে তাদের সম্বন্ধেও সিদ্ধান্তে উপনীত হয়েছিল; এবার সেই সব সিদ্ধান্তই আমাদের আলোচ্য।
সাধারণ ভাবভূমি থেকে ঠাকুর যা দেখেছিলেন—শাক্ত ও বৈষ্ণবের বিদ্বেষ
শ্রীচৈতন্যের তিরোভাবের পর থেকে আরম্ভ হয়ে বঙ্গদেশে শাক্ত ও বৈষ্ণবদের পরস্পর বিদ্বেষ যে একইভাবে চলে আসছিল, এ কথা আর বলতে হবে না। শ্রীরামপ্রসাদাদি বিরল কতিপয় শক্তি-সাধক নিজ নিজ সাধনার সাহায্যে কালী ও কৃষ্ণকে এক বলে প্রত্যক্ষ করে সেই বিদ্বেষ ভ্রান্ত বলে প্রচার করলেও সর্বসাধারণ তাঁদের কথা বড় একটা না মেনে বিদ্বেষ-তরঙ্গেই যে গা ঢেলে রয়েছে, এ কথা উভয়পক্ষের পরস্পরের দেব-নিন্দাসূচক হাসি-কৌতুকেই স্পষ্ট প্রতীয়মান হয়। বাল্যকাল থেকে ঠাকুর যে এ ব্যাপারের সঙ্গে পরিচিত ছিলেন, তা বলা বাহুল্য। আবার উভয়পক্ষের শাস্ত্র-নিবদ্ধ সাধনে প্রবৃত্ত হয়ে সিদ্ধিলাভ করে ঠাকুর যখন উভয় পন্থাই সমান সত্য বলে উপলব্ধি করলেন, তখন শাক্ত-বৈষ্ণবের সেই বিদ্বেষের কারণ যে ধর্মহীনতাপ্রসূত অভিমান বা অহংকার, এ কথা বুঝতে তাঁর বাকি রইল না।
নিজ পরিবারের লোকজনের ভিতর সেই বিদ্বেষ দূর করার জন্য সকলকে শক্তিমন্ত্রে দীক্ষাগ্রহণ করানো
ঠাকুরের পিতা শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন, এবং শ্রীশ্রীরঘুবীরশিলাকে দৈবযোগে লাভ করে বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন। ঠাকুর এমন বৈষ্ণববংশে জন্মগ্রহণ করলেও কিন্তু বাল্যকাল থেকে তাঁর শিব ও বিষ্ণু উভয়ের উপর সমান অনুরাগের পরিচয় পাওয়া যেত। বাল্যকালে এক সময়ে শিব সেজে তিনি যে সেই ভাবে সমাধিস্থ হয়ে কয়েক ঘণ্টা ছিলেন, সে কথা প্রতিবেশীরা এখনও বলে এবং সেই জায়গা দেখিয়ে দেয়। এর পরিচায়ক হিসেবে আর একটি কথারও এখানে উল্লেখ করা যেতে পারে; ঠাকুর নিজের পরিবারের প্রত্যেককে এক সময়ে বিষ্ণুমন্ত্র ও শক্তিমন্ত্র উভয় মন্ত্রেই দীক্ষা গ্রহণ করিয়েছিলেন। তাঁদের মন থেকে বিদ্বেষভাব সম্পূর্ণ দূর করার জন্যই ঠাকুরের এমন আচরণ, এ কথাই আমরা অনুমান করি।
সাধুদের ওষুধ দেওয়ার প্রথার উৎপত্তি ও ক্রমে তাতে সাধুদের আধ্যাত্মিক অবনতি
বহু প্রাচীন যুগে মহারাজ ধর্মাশোক সাধারণ মানুষের কল্যাণের জন্য ধর্ম ও বিদ্যা বিস্তার করতে কৃতসংকল্প হয়েছিলেন, এ কথা এখন সকলেই জানেন। মানুষ এবং গ্রাম্য পশুদের শারীরিক রোগ নিবারণের জন্য তিনি ভারতের নানা স্থানে হাসপাতাল, পিঁজরাপোল প্রভৃতি প্রতিষ্ঠা করেন, ভেষজ সংগ্রহ ও চাষ করে সাধারণের সহজপ্রাপ্য করেন এবং বৌদ্ধ যতিদের সাহায্যে ওষুধ ও ওষধি দেশ-দেশান্তরে পাঠান ও প্রচার করেন। সাধুদের ওষুধ সংগ্রহ করে রাখা বোধ হয় সেই সময় থেকেই শুরু হয়। আবার তন্ত্রযুগে সেই প্রথা বিশেষ বৃদ্ধি পায়। পরবর্তী যুগের সংহিতাকারেরা তাতে সাধুদের আধ্যাত্মিক অবনতি দেখে তার বিশেষ প্রতিবাদ করলেও রক্ষণশীল ভারতে সেই প্রথার এখনও উচ্ছেদ হয়নি। দক্ষিণেশ্বরে থাকার সময়ে এবং তীর্থভ্রমণে ঠাকুর যে অনেক সাধু-সন্ন্যাসীকে ওইভাবে প্রতিষ্ঠালাভ করে ভোগসুখে চিরকালের জন্য পতিত হতে দেখে সাধুদের ভিতরেও ধর্মহীনতা অনুভব করেছিলেন, এ কথা আমাদের স্পষ্ট বোধ হয়। কারণ, ঠাকুর আমাদের অনেককে অনেক সময়ে বলতেন, “যে সাধু ঔষধ দেয়, যে সাধু ঝাড়ফুঁক করে, যে সাধু টাকা নেয়, যে সাধু বিভূতি তিলকের বিশেষ আড়ম্বর করে খড়ম পায়ে দিয়ে যেন সাঁইবোট (signboard) মেরে নিজেকে বড় সাধু বলে অপরকে জানায়, তাদের কদাচ বিশ্বাস করবিনি।”
কেবলমাত্র ভেকধারী সাধুদের সম্বন্ধে ঠাকুরের মত
উপরোক্ত কথাটি থেকে কেউ যেন ভেবে না বসেন, ঠাকুর ভণ্ড ও ভ্রষ্ট সাধুদের দেখে পাশ্চাত্যের জনসাধারণের মতো সব সাধুসম্প্রদায় তুলে দেওয়াই উচিত বলে মনে করতেন। কারণ, ঠাকুরকে আমরা সেই কথা-প্রসঙ্গে সময়ে সময়ে বলতে শুনেছি যে, একটা ভেকধারী সাধারণ পেট-বৈরাগী ও একজন চরিত্রবান গৃহীর ভিতর তুলনা করলে প্রথমজনকেই বড় বলতে হয়। কারণ, ও লোক যোগ-যাগ কিছু না করে কেবলমাত্র চরিত্রবান থেকে যদি জন্মটা ভিক্ষা করে কাটিয়ে যায়, তা হলেও সাধারণ গৃহী লোকের চেয়ে এ জন্মে ত্যাগের পথে কত বেশি এগিয়ে রইল। ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করাই যে ঠাকুরের কাছে ব্যক্তিগত চরিত্র ও অনুষ্ঠানের পরিমাপক ছিল, এ সম্বন্ধে ঠাকুরের উপরোক্ত কথাগুলিই অন্যতম দৃষ্টান্ত।
যথার্থ সাধুদের জীবন থেকেই শাস্ত্র সজীব থাকে
যথার্থ নিষ্ঠাবান প্রেমিক বা জ্ঞানী সাধু যে সম্প্রদায়েরই হোন না কেন, ঠাকুরের কাছে যে বিশেষ সম্মান পেতেন, তার দৃষ্টান্ত আমরা লীলাপ্রসঙ্গে আগেই ভূরি ভূরি দিয়েছি। ভারতে সনাতন ধর্ম তাঁদের উপলব্ধির সাহায্যেই সজীব রয়েছে। তাঁদের ভিতরে যাঁরা ঈশ্বরদর্শনে সিদ্ধকাম হয়ে সর্বপ্রকার মায়াবন্ধন থেকে মুক্তিলাভ করেন, তাঁদের দ্বারাই বেদাদি শাস্ত্র সপ্রমাণ হয়। কারণ, আপ্তপুরুষেই যে বেদের প্রকাশ, এ কথা বৈশেষিকাদি ভারতের সকল দর্শনকারই একবাক্যে বলে গেছেন। অতএব গভীর-অন্তর্দৃষ্টি-সম্পন্ন ঠাকুর যে তাঁদের সম্বন্ধে এ কথা বুঝে তাঁদের এভাবে সম্মান দিতেন, তা কিছু বিচিত্র ব্যাপার নয়।
যথার্থ সাধুদের ভিতরেও একদেশী ভাব দেখা
ঠাকুর নিজ নিজ পথে নিষ্ঠা-ভক্তির সঙ্গে অগ্রসর সাধুদের বিশেষ প্রীতির চোখে দেখে তাঁদের সঙ্গে স্বয়ং সর্বদা বিশেষ আনন্দ পেলেও এক বিষয়ের অভাব তিনি তাঁদের ভিতর সর্বদা দেখতে পেয়ে সময়ে সময়ে নিতান্ত দুঃখিত হতেন। দেখতেন যে, তিনি সমান অনুরাগে সকল সম্প্রদায়ের সঙ্গে সমভাবে যোগদান করলেও তাঁরা তা পারতেন না। ভক্তিমার্গের সাধকদের তো কথাই নেই, অদ্বৈতপন্থায় অগ্রসর সন্ন্যাসী সাধকদের ভিতরেও তিনি এমন একদেশী ভাব দেখতে পেতেন। অদ্বৈতভূমির উদার সমভাব লাভ করার বহু আগেই তাঁরা অন্য সব পন্থার লোকদের হীনাধিকারী বলে সমভাবে ঘৃণা করতে, বা বড় জোর এক প্রকার অহংকারী করুণার চোখে দেখতে শিখতেন। উদারবুদ্ধি ঠাকুর একই লক্ষ্যে অগ্রসর ওই সব ব্যক্তির এই প্রকার পরস্পর-বিদ্বেষ দেখে যে বিশেষ কষ্ট পেতেন, এ কথা আর বলতে হবে না, এবং সেই একদেশিতা যে ধর্মহীনতা থেকে উৎপন্ন, এ কথা বুঝতেও তাঁর বাকি থাকত না।
তীর্থে ধর্মহীনতার পরিচয় পাওয়া। আমাদের দেখা-শোনায় ও ঠাকুরের দেখা-শোনায় কত প্রভেদ
দক্ষিণেশ্বর কালীবাড়িতে বসে ঠাকুর যে ধর্মহীনতা ও একদেশিতার পরিচয় গৃহী ও সন্ন্যাসী সকলেরই ভিতর প্রতিদিন পাচ্ছিলেন, তীর্থে দেবস্থানে গিয়ে তার কিছুই কম না দেখে বরং আরও অনেক বেশি প্রতাপই দেখতে পেলেন। মথুরের দান গ্রহণ করার সময় ব্রাহ্মণদের বিবাদ, কাশীর কতকগুলি তান্ত্রিক সাধকের পূজানুষ্ঠান দেখতে তাঁকে ডেকে জগদম্বার পূজা নামমাত্র সম্পন্ন করে কেবল কারণ-পানে ঢলাঢলি, দণ্ডী স্বামীদের প্রতিষ্ঠা ও নামযশলাভের জন্য প্রাণপণ প্রয়াস, বৃন্দাবনে বৈষ্ণব বাবাজীদের সাধনার ভানে যোষিৎসঙ্গে কালযাপন প্রভৃতি সব ঘটনাই ঠাকুরের তীক্ষ্ণদৃষ্টির সামনে নিজের যথাযথ রূপ প্রকাশ করে সমাজ এবং দেশের প্রকৃত অবস্থার কথা বুঝতে তাঁকে সহায়তা করেছিল। অবশ্য নিজের ভিতর অতি গভীর নির্বিকল্প অদ্বৈততত্ত্বের উপলব্ধি না থাকলে শুধু সেই সব ঘটনা দেখাটা এ বিষয়ে বিশেষ সহায়তা করতে পারত না। সেই ভাবোপলব্ধি আগেই হয়েছিল বলে ঠাকুরের মনে ব্যক্তিগত ও সমাজগত মানবজীবনের চরম লক্ষ্য সম্বন্ধে ধারণা স্থির ছিল এবং তার সঙ্গে তুলনা করে সব বিষয় ধরা-বোঝা সহজসাধ্য হয়েছিল। অতএব যথার্থ উন্নতি, সভ্যতা, ধর্ম, জ্ঞান, ভক্তি, নিষ্ঠা, যোগ, কর্ম প্রভৃতি প্রেরকভাবসমূহ কোন লক্ষ্যে মানবকে অগ্রসর করিয়ে দিচ্ছে, অথবা সেগুলির পরিসমাপ্তিতে মানব কোথায় গিয়ে কেমন অবস্থায় দাঁড়াবে, তা ঠাকুর নিঃসংশয়ভাবে জানতেন বলেই সাধারণ ভাবভূমিতে থাকার সময় ব্যক্তিগত এবং সমাজগত জীবনের দৈনন্দিন ঘটনাবলি এভাবে দেখা ও আলোচনা করা তাঁকে সকল বিষয়ে সত্যাসত্য-নির্ধারণে সহায়তা করেছিল। বোঝো না—যথার্থ সাধুতার জ্ঞান না থাকলে তিনি কোন সাধু কতটা অগ্রসর, তা ধরতেন কীভাবে? তীর্থে ও দেবমূর্তি প্রভৃতিতে বাস্তবিকই যে ধর্মভাব বহু লোকের চিন্তাশক্তির সাহায্যে ঘনীভূত হয়ে প্রকাশিত রয়েছে, এ কথা আগে নিঃসংশয়ে না দেখলে মহাসত্যনিষ্ঠ ঠাকুর জনসাধারণকে তীর্থাটন ও সাকারোপাসনায় অতি দৃঢ়তার সঙ্গে প্রোৎসাহিত করতেন কীভাবে? অথবা নানা ধর্মের কোন দিকে গতি এবং কোথায় পরিসমাপ্তি, তা জানা না থাকলে সেগুলির একদেশিতাটিই যে দূষণীয়, এ কথা ধরতেন কীভাবে? আমরাও প্রতিদিন সাধু, তীর্থ, দেবদেবীর মূর্তি প্রভৃতি দেখি, ধর্ম ও শাস্ত্রমতগুলির অনন্ত কোলাহল শুনে বধির হই, বুদ্ধিকৌশল এবং বাগ্বিতণ্ডায় কখনও এ মতটি, কখনও ও মতটি সত্য বলে মনে করি, জীবনের দৈনন্দিন ঘটনাবলি পর্যালোচনা করে মানবের লক্ষ্য কখনও এটা কখনও ওটা হওয়া উচিত বলে মনে করি; অথচ কোনো বিষয়েই একটা স্থির সিদ্ধান্তে উপনীত হতে না পেরে নিরন্তর সন্দেহে দোলায়মান থাকি এবং কখনও কখনও নাস্তিক হয়ে ভোগসুখলাভটাই জীবনে সারকথা ভেবে নিশ্চিন্ত হয়ে বসে থাকি! আমাদের এরকম দেখাশোনা, আমাদের এরকম আজ এক প্রকার, কাল অন্য প্রকার সিদ্ধান্ত আমাদের কী এমন বিশেষ সহায়তা করে? ঠাকুরের এমন অদ্ভুত গঠন ও স্বভাবের মন ছিল বলে তিনি যা একবারমাত্র দেখে ধরতে-বুঝতে পেরেছিলেন, আমাদের পশুভাবাপন্ন মন শত জন্মেও তা জগদ্গুরু মহাপুরুষদের সহায়তা ছাড়া বুঝতে পারবে কি না, বলতে পারি না। জাতিগত সৌসাদৃশ্য উভয়ের ভিতর সাধারণভাবে লক্ষ করা গেলেও ঠাকুরের মনে ও আমাদের মনে যে কত প্রভেদ, তা প্রতি কার্যকলাপেই বেশ অনুমান করা যায়। ভক্তিশাস্ত্র সেজন্যই অবতারপুরুষদের মন সাধারণের থেকে ভিন্ন উপাদানে—রজস্তমোরহিত শুদ্ধ সত্ত্বগুণে গঠিত বলে উল্লেখ করেছেন।
ঠাকুরের নিজ উদার মতের অনুভব
এভাবে দিব্য ও সাধারণ উভয় ভাবভূমি থেকে দর্শন করেই দেশের এই সময়ের ধর্মহীনতা, প্রচলিত ধর্মমতগুলির একদেশিতা, প্রত্যেক ধর্মমত সমভাবে সত্য হলেও এবং বিভিন্ন প্রকৃতির মানবকে ভিন্ন ভিন্ন পথ দিয়ে চরমে একই লক্ষ্যে পৌঁছে দিলেও পূর্ব পূর্ব আচার্যদের সে বিষয়ে অনভিজ্ঞতা বা দেশ-কাল-পাত্র বিবেচনায় অপ্রচার ইত্যাদি—অভিনব মহাসত্যগুলির ধারণা ঠাকুর তীর্থাদি-দর্শন থেকেই বিশেষভাবে অনুভব করেছিলেন। আর অনুভব করেছিলেন যে, একদেশিত্বের গন্ধমাত্ররহিত বিদ্বেষসম্পর্কমাত্রশূন্য তাঁর নিজভাব জগতের পক্ষে এক অদৃষ্টপূর্ব ব্যাপার! এ তাঁরই নিজস্ব সম্পত্তি! তাঁকেই তা জগৎকে দান করতে হবে!
‘সর্ব ধর্ম সত্য—যত মত, তত পথ’, এ কথা জগতে তিনিই যে প্রথম অনুভব করেছেন, তা ঠাকুরের ধরতে পারা
“সর্ব ধর্মমতই সত্য—যত মত তত পথ”—এই মহদুদার কথা জগৎ ঠাকুরের শ্রীমুখেই প্রথম শুনে যে মোহিত হয়েছে, এ কথা আমাদের অনেকে এখন জানতে পেরেছেন। পূর্ব পূর্ব যুগের ঋষি ও ধর্মাচার্যদের কারও কারও ভিতরে এমন উদার ভাবের অন্তত আংশিক বিকাশ তো দেখা গেছে বলে কেউ কেউ আপত্তি তুলতে পারেন, কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যায়, সেই আচার্যেরা নিজ নিজ বুদ্ধির সাহায্যে প্রত্যেক মতের কতক কতক কেটে ছেঁটে সেগুলির ভিতর যতটুকু সারাংশ বলে নিজে বুঝতেন, তারই মধ্যে একটা সমন্বয়ের ভাব টানাটানি করে দেখার ও দেখানোর প্রয়াস করেছেন। ঠাকুর যেভাবে প্রত্যেক মতের কিছুমাত্র ত্যাগ না করে সমান অনুরাগে নিজের জীবনে সেগুলির প্রত্যেকটির সাধনা করে সেই মতের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে এ বিষয়টি প্রত্যক্ষ করেছিলেন, সেভাবে আগের কোনো আচার্যই সেই সত্য উপলব্ধি করেননি। সে যা-ই হোক, এ বিষয়ের বিস্তৃত আলোচনা এখানে করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কেবল এই কথাই পাঠককে এখানে বলতে চাই যে, সেই উদার ভাবের পরিচয় ঠাকুরের জীবনে আমরা বাল্যকাল থেকেই পাই। তবে তীর্থদর্শন করে আসার আগে পর্যন্ত ঠাকুর এ কথাটি নিশ্চিত করে ধরতে পারেননি যে, আধ্যাত্মিক রাজ্যে এমন উদারতা একমাত্র তিনিই উপলব্ধি করেছেন, এবং পূর্ব পূর্ব ঋষি আচার্য বা অবতারখ্যাত পুরুষেরা এক একটি বিশেষ পথ দিয়ে কেমন করে লক্ষ্যস্থানে পৌঁছতে হয়, তা জনসমাজে প্রচার করে গেলেও ভিন্ন ভিন্ন পথ দিয়ে যে একই লক্ষ্যে পৌঁছানো যায়, এ সংবাদ তাঁদের কেউই এ পর্যন্ত প্রচার করেননি। ঠাকুর বুঝলেন, সাধনকালে তিনি সর্বান্তঃকরণে সকল প্রকার বাসনা-কামনা শ্রীশ্রীজগন্মাতার পাদপদ্মে সমর্পণ করে সংসারে, মায়ার রাজ্যে আর কখনও ফিরবেন না বলে দৃঢ়-সংকল্প করে অদ্বৈতভাব-ভূমিতে অবস্থান করলেও জগদম্বা যে তাঁকে তখন তা করতে দেননি, নানা অসম্ভাবিত উপায়ে তাঁর শরীরটা এখনও রেখে দিয়েছেন—তা এই কাজের জন্য—যতদূর সম্ভব একদেশী ভাব জগৎ থেকে দূর করার জন্য, এবং জগৎও সেই অশেষকল্যাণকর ভাব গ্রহণ করার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে। আমরা এই সিদ্ধান্তে কীভাবে উপনীত হয়েছি, তা-ই এখন পাঠককে বলার প্রয়াস পাব।
জগৎকে ধর্মদান করতে হবে বলেই জগদম্বা তাঁকে অদ্ভুতশক্তিসম্পন্ন করেছেন, ঠাকুরের তা অনুভব করা
ধর্মবস্তুর উপলব্ধি যে বাক্যের বিষয় নয়—অনুষ্ঠানসাপেক্ষ, এ ধারণা ঠাকুরের বাল্যকাল থেকেই ছিল। আবার সেই বস্তু যে বহুকালের অনুষ্ঠানে সঞ্চিত করে অপরের মধ্যে সংক্রমিত করা বা অপরকে যথার্থই প্রদান করা যায়, এ কথাও ঠাকুর সাধনকালে সময়ে সময়ে, এবং সিদ্ধিলাভের পরে অনেক সময় অনুভব করে আসছিলেন। সে কথার আভাস আমরা আগেই[3] অনেক স্থানে দিয়ে এসেছি। জগদম্বা কৃপা করে তাঁর ভিতরে যে সেই শক্তি বিশেষভাবে সঞ্চিত করে রেখেছেন এবং মথুরপ্রমুখ বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি কৃপায় তাঁকে সময়ে সময়ে সম্পূর্ণ আত্মহারা করে সেই শক্তি ব্যবহার করেছেন, সে বিষয়ে প্রমাণও ঠাকুর ততদিনে অনেকবার নিজের জীবনে পেয়েছিলেন। আগে এতে তাঁর শুধু এই ধারণাই হয়েছিল যে, শ্রীশ্রীজগন্মাতা তাঁর শরীর ও মনকে যন্ত্র করে কয়েকজন ভাগ্যবানকেই কৃপা করবেন—কীভাবে বা কখন সেই কৃপা করবেন, তা তিনি বুঝতে পারেননি এবং শিশুর মতো মায়ের উপর নিঃসংকোচে নির্ভরশীল ঠাকুরের মন তা বুঝতে চেষ্টাও করেনি। কিন্তু ভারতকে ধর্মদান করতে হবে, জগতে ধর্মবন্যা খরস্রোতে প্রবাহিত করতে হবে, এ কথা তাঁর মনে স্বপ্নেও উদিত হয়নি। এখন থেকে জগদম্বা তাঁর শরীর-মনকে আশ্রয় করে যে এই নতুন লীলা আরম্ভ করছেন, ঠাকুর এ কথা প্রাণে প্রাণে অনুভব করতে লাগলেন। কিন্তু করলেই বা উপায় কী? জগদম্বা কোন দিক দিয়ে কী করিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন, তা বুঝতে না দিলেই বা তিনি কী করবেন? ‘মা আমার, আমি মার’—এ কথা সত্যি সত্যিই সর্বকালের জন্য বলে তিনি যে বাস্তবিকই জগদম্বার বালক হয়ে গেছেন! মায়ের ইচ্ছা ছাড়া তাঁর যে বাস্তবিকই অন্য কোনো ইচ্ছার উদয় হয় না! এক ইচ্ছা যা সময়ে সময়ে উদিত হত—মাকে নানা ভাবে নানা পথ দিয়ে জানবেন, তা-ও যে সেই মা-ই নানা সময়ে তাঁর মনে তুলে দিয়েছিলেন, এ কথাও মা তাঁকে আগেই বিলক্ষণ বুঝিয়ে দিয়েছেন। অতএব এই অভিনব অনুভবে জগদম্বার বালক সানন্দে মায়ের মুখের দিকেই চেয়ে রইল এবং জগন্মাতাই আগের মতো তখনও তাঁকে নিয়ে খেলতে লাগলেন।
আমাদের মতো অহংকারের বশবর্তী হয়ে ঠাকুর আচার্য-পদবি গ্রহণ করেননি
তীর্থাদিদর্শনে ওই সত্যগুলি অনুভব করে ঠাকুর যে আমাদের মতো অহংকারের বশবর্তী হয়ে আচার্যপদবি নেননি, এ কথা আমরা দিব্যপ্রেমিকা তপস্বিনী গঙ্গামাতার সঙ্গে শ্রীবৃন্দাবনে তাঁর জীবনের অবশিষ্ট কাল কাটিয়ে দেওয়ার ইচ্ছাতেই বেশ বুঝতে পারি। ‘মার কাজ মা করেন, আমি জগতের কাজ করবার, লোকশিক্ষা দেবার কে?’ —এই ভাবটি ঠাকুরের মনে আজীবন যে কী বদ্ধমূল হয়ে গিয়েছিল, তা আমরা কল্পনার সাহায্যেও এতটুকু বুঝতে পারি না। কিন্তু এমন হয়েছিল বলেই তাঁর জগদম্বার কাজের যথার্থ যন্ত্র হওয়া, এমন হয়েছিল বলেই তাঁর ভাবমুখে নিরন্তর স্থিতি, এমন হয়েছিল বলেই তাঁর ভিতরে শ্রীগুরুভাবের প্রকাশ এবং এমন হয়েছিল বলেই তাঁর মনে সেই গুরুভাব ঘনীভূত হয়ে এক অপূর্ব অভিনব আকার ধারণ করে এখন ওইভাবে প্রকাশ পাওয়া! এতদিন গুরুভাবের আবেশকালে ঠাকুর আত্মহারা হয়ে পড়তেন এবং তাঁর শরীর-মন আশ্রয় করে যে কাজ হত, তা নিষ্পন্ন হয়ে যাওয়ার পর তবে ধরতে-বুঝতে পারতেন—এখন তাঁর শরীর-মন সেই ভাবের নিরন্তর ধারণ ও প্রকাশে অভ্যস্ত হয়ে আসায় তা-ই তাঁর সহজ স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়াল এবং তিনি না চাইলেও তাঁকে যথার্থ আচার্যপদবিতে সর্বদা প্রতিষ্ঠিত করে রাখল। আগে দীন সাধক বা বালকভাবই ঠাকুরের মনের সহজাবস্থা ছিল; সেই ভাব অবলম্বন করেই তিনি অনেকটা সময় থাকতেন; এবং গুরুভাবের প্রকাশ তাঁর ভিতরে অল্প সময়ই হত। এখন তার বিপরীত হল—তাঁর ভিতরে গুরুভাবই বেশি সময় থাকতে লাগল, এবং দীন সাধক বা বালক-ভাব অল্প সময়।
এ বিষয়ে প্রমাণ—ভাবমুখে জগদম্বার সঙ্গে ঠাকুরের কলহ
অহংকারের বশে আচার্যপদবি গ্রহণ করা যে ঠাকুরের মনের কাছে একেবারে অসম্ভব ছিল, তার পরিচয় আমরা অনেক দিন ঠাকুরের ভাবাবেশে জগদম্বার সঙ্গে বালকের মতো কলহে পেয়েছি। ফুল্ল শতদলের সৌরভে মধুকরপঙ্ক্তির মতো ঠাকুরের আধ্যাত্মিক প্রকাশে আকৃষ্ট হয়ে দক্ষিণেশ্বরে যখন অশেষ জনতা জড়ো হচ্ছিল, তখন একদিন আমরা গিয়ে দেখি, ঠাকুর ভাবাবস্থায় মায়ের সঙ্গে কথা বলছেন। বলছেন, “কচ্ছিস কী? এত লোকের ভিড় কি আনতে হয়? (আমার) নাইবার খাবার সময় নেই! (ঠাকুরের তখন গলায় ব্যথা হয়েছে। নিজের শরীর লক্ষ্য করে) একটা তো ভাঙা ঢাক! এত করে বাজালে কোন দিন ফুটো হয়ে যাবে যে! তখন কী করবি?”
এ বিষয়ে দ্বিতীয় দৃষ্টান্ত
আবার একদিন দক্ষিণেশ্বরে আমরা তাঁর কাছে বসে আছি। সেটা ১৮৮৪ খ্রিস্টাব্দের অক্টোবর মাস। এর কিছুদিন আগে শ্রীযুক্ত প্রতাপ হাজরার মায়ের অসুখের সংবাদ আসায় ঠাকুর তাকে অনেক বুঝিয়ে-সুঝিয়ে মায়ের সেবা করতে দেশে পাঠিয়ে দিয়েছেন—সেদিনও আমরা উপস্থিত ছিলাম। আজ সংবাদ এসেছে, প্রতাপচন্দ্র দেশে না গিয়ে বৈদ্যনাথ দেওঘরে চলে গেছে। ঠাকুর সেই সংবাদে একটু বিরক্তও হয়েছেন। এ কথা সে কথার পর ঠাকুর আমাদের একটি গান গাইতে বললেন এবং কিছুক্ষণ পরে ঠাকুরের ভাবাবেশ হল। সেদিনও ঠাকুর সেই ভাবাবেশে জগদম্বার সঙ্গে বালকের মতো বিবাদ আরম্ভ করলেন। বললেন, “অমন সব আদাড়ে লোককে এখানে আনিস কেন? (একটু চুপ করে) আমি অত পারব না। এক সের দুধে এক-আধপো জলই থাক্—তা নয়, এক সের দুধে পাঁচ সের জল! জ্বাল ঠেলতে ঠেলতে ধোঁয়ায় চোখ জ্বলে গেল! তোর ইচ্ছে হয় তুই দিগে যা। আমি অত জ্বাল ঠেলতে পারব না। অমন সব লোককে আর আনিসনি।” কাকে লক্ষ্য করে ঠাকুর সে কথা মাকে বলছেন, তার কী দুরদৃষ্ট—এ কথা ভাবতে ভাবতে আমরা ভয়ে বিস্ময়ে অভিভূত হয়ে স্থির হয়ে বসে রইলাম! মায়ের সঙ্গে এমন বিবাদ ঠাকুরের নিত্যই বাধত; এতে দেখা যেত যে, অন্য সকলে যে আচার্যপদবির সম্মানের জন্য লালায়িত, ঠাকুর তা নিতান্ত অকিঞ্চিৎকর জ্ঞান করে মাকে নিত্য তাঁর কাছ থেকে ফিরিয়ে নিতে বলতেন।
ঠাকুরের অনুভব: “সরকারি লোক—আমাকে জগদম্বার জমিদারির যেখানে যখনই গোলমাল হবে সেখানেই তখন গোল থামাতে ছুটতে হবে”
এভাবে ইচ্ছাময়ী জগদম্বা নিজ অচিন্ত্য লীলায় তাঁকে অদৃষ্টপূর্ব অদ্ভুত সব উপলব্ধি আজীবন করিয়ে তাঁর ভিতর যে মহদুদার আধ্যাত্মিক ভাবের অবতারণা করেছেন, তা এর আগে জগতে অন্য কোনো আচার্য মহাপুরুষের ভিতরেই আর করেননি—এ কথাটি ঠাকুরকে বোঝানোর সঙ্গে সঙ্গে, অপরকে কৃতার্থ করার জন্য ঠাকুরের ভিতরে ধর্মশক্তি তিনি যে কতটা সঞ্চিত রেখেছেন এবং সেই শক্তি অপরের মধ্যে সংক্রমণের জন্য তাঁকে যে কী অদ্ভুত যন্ত্ররূপে নির্মাণ করেছেন, তা-ও জগন্মাতা ঠাকুরকে এই সময়ে দেখিয়ে দেন! ঠাকুর সবিস্ময়ে দেখলেন—বাইরে চারদিকে ধর্মাভাব, আর ভিতরে মায়ের লীলায় সেই অভাবপূরণের জন্য অদৃষ্টপূর্ব শক্তি-সঞ্চয়! দেখে বুঝতে বাকি রইল না যে, আবার মা এ যুগে অজ্ঞান-মোহরূপ দুর্দান্ত-রক্তবীজ-বধে রণরঙ্গে অবতীর্ণা! আবার জগৎ মায়ের অহৈতুকী করুণার খেলা দেখে নয়ন সার্থক করবে এবং অনন্তগুণময়ী কোটি-ব্রহ্মাণ্ড-নায়িকার জয়স্তুতি করতে গিয়ে বাক্য খুঁজে পাবে না! উত্তাপের আতিশয্যে মেঘের উদয়, হ্রাসের শেষে স্ফীতির উদয়, দুর্দিনের অবসানে সুদিনের উদয় এবং বহুলোকের বহুকালসঞ্চিত প্রাণের অভাবে জগদম্বার অহৈতুকী করুণা ঘনীভূত হয়ে এভাবেই গুরুভাবের জীবন্ত সচল বিগ্রহরূপে অবতীর্ণ হয়! জগদম্বা কৃপায় ঠাকুরকে এ কথা বুঝিয়ে আবার কৃপা করে দেখালেন, ঠাকুরকে নিয়ে তাঁর এমন লীলা বহু যুগে বহুবার হয়েছে! —পরেও আবার বহুবার হবে! সাধারণ জীবের মতো তাঁর মুক্তি নেই। ‘সরকারি লোক—আমাকে জগদম্বার জমিদারির যেখানে যখনই কোনো গোলমাল বাধবে সেখানেই তখন গোল থামাতে ছুটতে হবে।’ —ঠাকুরের এই সব কথার অনুভব তখন থেকেই যে হয়েছিল, তা আমরা এভাবে বেশ বুঝতে পারি।
নিজ ভক্তদের দেখার জন্য ঠাকুরের প্রাণ ব্যাকুল হওয়া
‘যত মত তত পথ’-রূপ উদার মতের উদয় জগদম্বাই ‘লোকহিতায়’ কৃপা করে তাঁর ভিতরে ঘটিয়েছেন, এ কথা বোঝার সঙ্গে সঙ্গে ঠাকুরের বিচারশীল মন যে তখন থেকে আর একটি বিষয় অনুসন্ধান করতে শুরু করেছিল, তা স্পষ্ট মনে হয়। কোন ভাগ্যবানেরা তাঁর শরীর-মন আশ্রয় করে অবস্থিত সাক্ষাৎ মায়ের কাছ থেকে সেই নবীন-উদার ভাব গ্রহণ করে নিজ নিজ জীবন গড়ে ধন্য হবে, কারা মায়ের কাছ থেকে শক্তি গ্রহণ করে তাঁর বর্তমান যুগের অভিনব লীলার সহায়ক হবে এবং অপরকে সেই ভাব গ্রহণ করিয়ে কৃতার্থ করবে, মা সেই মহৎ কার্যানুষ্ঠানের জন্য কাদের চিহ্নিত করে রেখেছেন—এই সব কথা বোঝার, জানার ইচ্ছায় তাঁর মন এ সময় ব্যাকুল হয়ে উঠল। মথুরের সঙ্গে ঠাকুরের প্রেমসম্বন্ধ বিচার করার সময় আমরা আগে বলেছি যে, ঠাকুর নিজ ভক্তদের দর্শন করেছিলেন।[4] জগদম্বার অচিন্ত্য লীলায় পৃথিবীর সব বিষয়ে এতকাল সম্পূর্ণ অনাসক্তভাবে অবস্থিত ঠাকুরের মনে তাদের পূর্বদৃষ্ট মুখগুলি এবার উজ্জ্বল জীবন্ত ভাব ধারণ করল! তারা কতজন হবে—কবে, কতদিনে মা তাদের এখানে আনবেন—তাদের কাকে দিয়ে মা কোন কাজ করিয়ে নেবেন, মা তাদের তাঁর মতো ত্যাগী করবেন, না গৃহধর্মে রাখবেন—সংসারে এ পর্যন্ত দু-চার জনই তাঁকে নিয়ে মায়ের এই অপূর্ব লীলার কথা অল্প-স্বল্প মাত্র বুঝেছে, আগত ব্যক্তিদের কেউ কি জগদম্বার সেই লীলার কথা যথাযথভাবে সম্যক বুঝতে পারবে, না আংশিক বুঝেই চলে যাবে—এমন নানা কথা তোলাপাড়া করেই যে এ অদ্ভুত সন্ন্যাসী মন তখন দিন কাটাতে লাগল, এ কথা তিনি পরে অনেক সময়ে আমাদের বলেছিলেন। বলতেন, “তোদের সব দেখবার জন্য প্রাণের ভিতরটা তখন এমন করে উঠত, এমনভাবে মোচড় দিত যে যন্ত্রণায় অস্থির হয়ে পড়তুম! ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হতো! লোকের সামনে, কী মনে করবে ভেবে, কাঁদতে পারতুম না; কোন রকমে সামলে-সুমলে থাকতুম! আর যখন দিন গিয়ে রাত আসত, মার ঘরে, বিষ্ণুঘরে আরতির বাজনা বেজে উঠত, তখন আরও একটা দিন গেল—তোরা এখনও এলিনি ভেবে আর সামলাতে পারতুম না; কুঠির উপরের ছাদে উঠে ‘তোরা সব কে কোথায় আছিস আয়রে’ বলে চেঁচিয়ে ডাকতুম ও ডাক ছেড়ে কাঁদতুম। মনে হতো পাগল হয়ে যাব! তারপর কিছুদিন বাদে তোরা সব একে একে আসতে আরম্ভ করলি—তখন ঠাণ্ডা হই! আর আগে দেখেছিলাম বলে তোরা যেমন যেমন আসতে লাগলি অমনি চিনতে পারলুম! তারপর পূর্ণ যখন এল, তখন মা বললে ‘ঐ পূর্ণতে তুই যারা সব আসবে বলে দেখেছিলি তাদের আসা পূর্ণ হলো। ঐ থাকের (শ্রেণীর) লোকের কেউ আসতে আর বাকি রইল না।’ মা দেখিয়ে বলে দিলে, ‘এরাই সব তোর অন্তরঙ্গ’।” অদ্ভুত দর্শন—অদ্ভুত তার সফলতা! আমরা ঠাকুরের এই সব কথার অর্থ কতটা কী বুঝতে পারি? ঠাকুরের এই সময়ের অবস্থা সম্বন্ধে আমাদের আগের কথাগুলি যে স্বকপোলকল্পিত নয়, পাঠককে তা বোঝানোর জন্যই ঠাকুরের ওই কথাগুলি এখানে উল্লেখ করলাম।
ঠাকুরের ধারণা—‘যার শেষ জন্ম সেই এখানে আসবে; যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে, তাকে এখানে আসতে হবেই হবে’
এভাবে নিজ উদার মত অনুভব করার এবং গ্রহণ করার অধিকারী কারা, এ কথা নির্ণয় করতে গিয়ে ঠাকুরের আর একটি কথারও ধারণা হয়েছিল। ঠাকুর স্বয়ং সে কথা আমাদের অনেক সময় বলতেন। বলতেন, “যার শেষ জন্ম সে-ই এখানে আসবে—যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে।” কথাগুলি শুনে কত লোক কত কী যে ভেবেছে, তা বলে ওঠা দায়। কেউ তা একেবারে অযুক্তিকর বলে সিদ্ধান্ত করেছে; কেউ ভেবেছে, তা ঠাকুরের ভক্তি-বিশ্বাস-প্রসূত অসম্বদ্ধ প্রলাপমাত্র; কেউ বা তাতে ঠাকুরের মস্তিষ্কবিকৃতি অথবা অহংকারের পরিচয় পেয়েছে; কেউ বা—আমরা বুঝতে না পারলেও ঠাকুর যখন বলেছেন, তখন তা বাস্তবিকই সত্য, এই বুঝে সে সম্বন্ধে যুক্তিতর্কের অবতারণা করাটা বিশ্বাসের হানিকর ভেবে চোখ-কানে আঙুল দিয়েছে; আবার কেউ বা—ঠাকুর যদি তা কখনও বোঝান তো বুঝব, এই ভেবে তাতে বিশ্বাস বা অবিশ্বাস একটাও পাকা না করে তার সপক্ষে বা বিপক্ষে যে যা বলছে, তা অবিচলিত চিত্তে শুনে যাচ্ছে। কিন্তু অহংকার-সম্পর্ক-মাত্রশূন্য স্বাভাবিক সহজ ভাবেই যে জগদম্বা ঠাকুরকে নিজ উদার মত অনুভব করিয়ে যথার্থ আচার্য-পদবিতে আরূঢ় করিয়েছিলেন, এ কথা যদি আমরা পাঠককে বোঝাতে পেরে থাকি, তা হলে তাঁর ওই কথাগুলির অর্থ বুঝতে বিলম্ব হবে না। শুধু তা-ই নয়, একটু তলিয়ে দেখলেই পাঠক বুঝবেন যে, ওই কথাগুলিই সহজ স্বাভাবিক ভাবে ঠাকুরের এই উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভের বিশিষ্ট প্রমাণ।
জগদম্বার প্রতি একান্ত নির্ভরেই ঠাকুরের এমন ধারণা আসে
জগদম্বার বালক ঠাকুর নিজ শরীর-মনের অন্তরে দৃষ্টিপাত করে এই সময়ে যে অপূর্ব আধ্যাত্মিক শক্তি-সঞ্চয় ও শক্তি-সংক্রমণ-ক্ষমতার পরিচয় পেয়েছিলেন, তা যে তাঁর নিজের চেষ্টার ফল, এ কথা তিলেকের জন্যও তাঁর জননীগত-প্রাণ-মনে উদিত হয়নি। এতে তিনি অচিন্ত্যলীলাময়ী জগজ্জননীর খেলাই দেখেছিলেন এবং দেখে স্তম্ভিত ও বিস্মিত হয়েছিলেন। অঘটনঘটনপটীয়সী মা নিরক্ষর শরীর-মনটাকে আশ্রয় করে এ কী বিপুল খেলার আয়োজন করেছেন! —মূককে বাগ্মী করা, পঙ্গুকে দিয়ে সুমেরু উল্লঙ্ঘন করানো প্রভৃতি মায়ের যে সব লীলা দেখে লোকে মোহিত হয়ে তাঁর মহিমা কীর্তন করে, বর্তমান লীলা যে সেগুলিকে শতগুণে সহস্রগুণে অতিক্রম করছে! মায়ের এ লীলায় বেদ বাইবেল পুরাণ কোরান প্রভৃতি যাবতীয় ধর্মশাস্ত্র প্রমাণিত, ধর্ম প্রতিষ্ঠিত এবং জগতের যে অভাব আগে কোনো যুগে কেউই দূর করতে পারেনি, তা চিরকালের মতো বাস্তবিক অন্তর্হিত! ধন্য মা, ধন্য লীলাময়ী ব্রহ্মশক্তি! সেই দর্শনে ঠাকুরের এমন ভাবনারই উদয় হয়েছিল। মায়ের কথায়, মায়ের অনন্ত করুণায় ও অচিন্ত্য শক্তিতে একান্ত বিশ্বাসেই ঠাকুরের মন সেই দর্শনকে ধ্রুবসত্য বলে ধরে, সেই লীলার প্রসার কতদূর, কারা তার সহায়ক এবং শক্তিবীজ কেমন হৃদয়েই বা রোপিত হবে—এই সব প্রশ্ন পর পর জিজ্ঞাসা করে, তার ফলে অন্তরঙ্গ ভক্তদের দেখেছিল এবং যার শেষ জন্ম, যে ঈশ্বরকে পাওয়ার জন্য একবারও মনেপ্রাণে ডেকেছে, সেই ব্যক্তিই মায়ের এই অপূর্ব-উদার নতুন ভাব গ্রহণের অধিকারী, এই সিদ্ধান্তে এসে পৌঁছেছিল। অতএব দেখা যাচ্ছে, সেই সিদ্ধান্ত জগজ্জননীর উপর ঠাকুরের ঐকান্তিক বিশ্বাসের ফলেই এসেছিল। মায়ের উপর নির্ভরশীল বালকের এমন সিদ্ধান্ত করা ছাড়া অন্যরকম করার আর উপায়ই ছিল না এবং তা করেছিলেন বলে ঠাকুরের মনে অহংকারের লেশমাত্রও উদিত হয়নি।
ঠাকুরের সেই কথার অর্থ
অতএব ‘যার শেষ জন্ম সে-ই এখানে আসবে, ঈশ্বরকে যে একবারও ঠিক ঠিক ডেকেছে, তাকে এখানে আসতে হবেই হবে’—ঠাকুরের এই কথাগুলির ভিতর ‘এখানে’ কথাটির যদি আমরা ‘মার অভিনব উদার ভাবে’ এরকম অর্থ করি, তা হলে বোধ হয় অযুক্তিকর হবে না এবং কারও আপত্তি হবে না। কিন্তু সেই অর্থ স্বীকার করলেই আবার অন্য প্রশ্ন উঠবে—তারা কি জগদম্বার ‘যত মত তত পথ’-রূপ উদার ভাবে নিজে থেকে এসে পৌঁছবে, না জগদম্বা যাঁকে যন্ত্র করে জগতে সেই ভাব প্রথম প্রচার করলেন, তাঁর সাহায্যে পৌঁছবে? —এ প্রশ্নের উত্তর, আমাদের বোধে, প্রশ্নকর্তার নিজের প্রাণে বা অন্য কারও প্রাণে সেই ভাব ঠিক ঠিক অনুভব করার ফল দেখেই দেওয়া উচিত এবং যতদিন না সেই দর্শন এসে উপস্থিত হয়, ততদিন চুপ করে থাকাই ভালো। তবে পাঠক যদি আমাদের ধারণার কথা জিজ্ঞাসা করেন তো বলতে হয়, ঠিক ঠিক সেই ভাবানুভূতির সঙ্গে সঙ্গে জগদম্বা যাঁকে সেই ভাবময় করে জগতের জন্য সংসারে প্রথম এনেছেন, তাঁর দর্শনও তোমার যুগপৎ লাভ হবে এবং তাঁর ‘নির্মানমোহ’ মূর্তিতে প্রাণের ভক্তি-শ্রদ্ধা তুমি নিজে থেকেই ঢেলে দেবে। ঠাকুর তা প্রার্থনা করবেন না—অন্যেরাও কেউ তোমাকে এমন করতে বলবেন না, কিন্তু তুমি জগদম্বার প্রতি প্রেমে নিজে থেকেই তা করে ফেলবে! এ বিষয়ে আর বেশি বলা নিষ্প্রয়োজন।
গুরুভাবের ঘনীভূত অবস্থাকেই তন্ত্র দিব্যভাব বলেছে। দিব্যভাবে উপনীত গুরুরা শিষ্যকে কীভাবে দীক্ষা দেন
জগদম্বার ইচ্ছায় গুরুভাব কারও ভিতর সামান্যও সহজ বা ঘনীভূত হলে সেই পুরুষের কার্যকলাপ, বিহার, ব্যবহার এবং অপরের প্রতি অহৈতুকী করুণাপ্রকাশ সবই মানববুদ্ধির অগম্য এক অদ্ভুত আকার যে ধারণ করে, ভারতের তন্ত্রকার এ কথা বারংবার বলেছেন। সেই ভাবের এমন বিকাশকে তন্ত্র দিব্যভাব আখ্যা দেন এবং সেই দিব্যভাবে ভাবিত পুরুষেরা অপরকে শাস্ত্রবিধিবদ্ধ নিয়মের বাইরে অসম্ভাবিত উপায়ে শিক্ষাদীক্ষাদি দেন, এ কথাও বলেন। কারও প্রতি করুণায় তাঁরা ইচ্ছা বা স্পর্শমাত্রেই সেই ব্যক্তির ভিতর ধর্মশক্তি সম্যক জাগ্রত করে সেই মুহূর্তেই সমাধিস্থ করতে পারেন; অথবা আংশিকভাবে সেই শক্তিকে তার ভিতর জাগ্রত করে এ জন্মেই যাতে সেই শক্তি সম্যকভাবে জাগরিত হয় ও সাধককে যথার্থ ধর্মলাভে কৃতার্থ করে, তা-ও করে দিতে পারেন। তন্ত্র বলেন, গুরুভাবের ঈষৎ ঘনীভূত অবস্থায় আচার্য শিষ্যকে ‘শাক্তী’ দীক্ষা দান করতে এবং বিশেষ ঘনীভূত অবস্থায় ‘শাম্ভবী’ দীক্ষা দান করতে সমর্থ হন। আর, সাধারণ গুরুদের পক্ষেই শিষ্যকে ‘মান্ত্রী’ বা ‘আণবী’ দীক্ষাদান তন্ত্রনির্দিষ্ট। ‘শাক্তী’ ও ‘শাম্ভবী’ দীক্ষা সম্বন্ধে রুদ্রযামল, ষড়ন্বয় মহারত্ন, বায়বীয় সংহিতা, সারদা, বিশ্বসার প্রভৃতি সমস্ত তন্ত্র এক কথাই বলেছেন। আমরা এখানে বায়বীয় সংহিতার শ্লোকগুলি উদ্ধৃত করলাম। যথা –
শাম্ভবী চৈব শাক্তী চ মান্ত্রী চৈব শিবাগমে।
দীক্ষোপদিশ্যতে ত্রেধা শিবেন পরমাত্মনা॥
গুরোরালোকমাত্রেণ স্পর্শাৎ সম্ভাষণাদপি।
সদ্যঃ সংজ্ঞা ভবেজ্জন্তোর্দীক্ষা সা শাম্ভবী মতা॥
শাক্তী জ্ঞানবতী দীক্ষা শিষ্যদেহং প্রবিশ্যতি।
গুরুণা জ্ঞানমার্গেন ক্রিয়তে জ্ঞানচক্ষুষা॥
মান্ত্রী ক্রিয়াবতী দীক্ষা কুম্ভমণ্ডলপূর্বিকা।
* * *
শ্রীগুরুর দর্শন, স্পর্শন ও সম্ভাষণমাত্রেই শিষ্যের জ্ঞানের উদয় হওয়াকে শাম্ভবী দীক্ষা বলে; এবং গুরুর শক্তি শিষ্য-শরীরে প্রবেশ করে তার ভিতর জ্ঞানের উদয় ঘটিয়ে দেওয়াকেই শাক্তী দীক্ষা বলে
অর্থাৎ— আগমশাস্ত্রে পরমাত্মা শিব তিন প্রকার দীক্ষার উপদেশ দিয়েছেন, যথা—শাম্ভবী, শাক্তী ও মান্ত্রী। শাম্ভবী দীক্ষায় শ্রীগুরু-দর্শন, স্পর্শন বা সম্ভাষণ (প্রণামাদি) মাত্রেই জীবের সেই মুহূর্তে জ্ঞানোদয় হয়। শাক্তী দীক্ষায় জ্ঞানচক্ষু গুরু দিব্যজ্ঞানের সাহায্যে শিষ্যের ভিতর নিজের শক্তি প্রবেশ করিয়ে তার প্রাণে ধর্মভাব জাগ্রত করে দেন। মান্ত্রী দীক্ষায় মণ্ডল-অঙ্কন, ঘটস্থাপন এবং দেবতার পূজাদির পর শিষ্যের কানে মন্ত্র উচ্চারণ করে দিতে হয়।
রুদ্রযামল বলেন—শাক্তী ও শাম্ভবী দীক্ষা সদ্যোমুক্তিবিধায়িনী! যথা –
শাক্তী চ শাম্ভবী চান্যা সদ্যোমুক্তিবিধায়িনী।
* * *
সিদ্ধৈঃ স্বশক্তিমালোক্য তয়া কেবলয়া শিশোঃ।
নিরুপায়ং কৃতা দীক্ষা শাক্তেয়ী পরিকীর্তিতা॥
অভিসন্ধিং বিনাচার্যশিষ্যয়োরুভয়োরপি।
দেশিকানুগ্রহেণৈব শিবতা-ব্যক্তিকারিণী॥
অর্থাৎ— সিদ্ধপুরুষেরা কোনো বাহ্যিক উপায় অবলম্বন না করে কেবলমাত্র নিজের আধ্যাত্মিক শক্তির সাহায্যে শিষ্যের ভিতর যে দিব্যজ্ঞানের উদয় ঘটান, তাকেই শাক্তী দীক্ষা বলে। শাম্ভবী দীক্ষায় আচার্যের মনে দীক্ষা প্রদান করব, শিষ্যের মনে দীক্ষা গ্রহণ করব—আগে থেকে এমন কোনো সংকল্প থাকে না। পরস্পরকে দর্শন করামাত্রই আচার্যের হৃদয়ে সহসা করুণার উদয় হয়, শিষ্যকে কৃপা করতে ইচ্ছা হয় এবং তাতেই শিষ্যের ভিতর অদ্বৈতবস্তুর জ্ঞানোদয় হয়ে সে শিষ্যত্ব স্বীকার করে।
এমন দীক্ষায় কালাকাল-বিচারের আবশ্যকতা নেই
পুরশ্চরণোল্লাস তন্ত্র বলেন, এই প্রকার দীক্ষায় শাস্ত্রনির্দিষ্ট কালাকাল বিচারেরও আবশ্যকতা নেই। যথা –
দীক্ষায়াং চঞ্চলাপাঙ্গি ন কালনিয়মঃ ক্বচিৎ।
সদ্গুরোর্দর্শনাদেব সূর্যপর্বে চ সর্বদা॥
শিষ্যমাহূয় গুরুণা কৃপয়া যদি দীয়তে।
তত্র লগ্নাদিকং কিঞ্চিৎ ন বিচার্যং কদাচন॥
অর্থাৎ— হে চঞ্চলনয়নি পার্বতি, বীর ও দিব্যভাবাপন্ন গুরুর কাছ থেকে দীক্ষাগ্রহণে কালবিচারের কোনো আবশ্যকতা নেই। উত্তরায়ণকালে সদ্গুরুর দর্শনলাভ হলে এবং তিনি কৃপা করে দীক্ষা দেবেন বলে শিষ্যকে আহ্বান করলে লগ্নাদিবিচার না করেই তা নেবে।
দিব্যভাবাপন্ন গুরুদের মধ্যে ঠাকুর সর্বশ্রেষ্ঠ—তার কারণ
সাধারণ দিব্যভাবাপন্ন গুরুর সম্বন্ধেই শাস্ত্র যখন এমন ব্যবস্থা নির্ণয় করেছেন, তখন এই অলৌকিক ঠাকুর জগদম্বার হাতে সর্বদা যন্ত্রস্বরূপ হয়ে থেকে অহৈতুকী করুণায় কীভাবে অপরকে শিক্ষাদান ও ধর্মশক্তি-সঞ্চার করতেন, তা আমরা কেমন করে নির্ণয় করতে পারব! কারণ, জগন্মাতা কৃপা করে ঠাকুরের শরীর-মনকে আশ্রয় করে এবার যে কেবল তন্ত্রোক্ত দিব্যভাবের খেলাই দেখাতে লাগলেন তা নয়, দিব্যভাবাপন্ন যাবতীয় গুরু ‘যত মত তত পথ’-রূপ যে উদার ভাবের সাধন ও উপলব্ধি এ কাল পর্যন্ত কখনও করেননি, সেই মহদুদার ভাবের প্রকাশও তিনি তখন থেকে ঠাকুরের ভিতর দিয়ে জগদ্ধিতায় করতে লাগলেন। তাই বলছি, অতঃপর ঠাকুরের জীবনে এই সময় থেকে এক নতুন অধ্যায় আরম্ভ হল।
অবতারমহাপুরুষদের ভিতরে সকল সময় সকল শক্তি প্রকাশিত থাকে না। এ বিষয়ে প্রমাণ
ভক্তিমান শ্রোতা হয়তো আমাদের এই কথায় কুটিল কটাক্ষ করে বলবেন—তোমাদের ওসব কেমন কথা? ঠাকুরকে যদি ঈশ্বরাবতারই বলো, তবে তাঁর ওই ভাব বা শক্তিপ্রকাশ যে কখনও ছিল না, এ কথা আর বলতে পারো না। সে কথার উত্তরে আমরা বলি—ভ্রাতঃ, ঠাকুরের কথা-প্রমাণেই আমরা এমন বলছি। নরদেহ ধারণ করলে ঈশ্বরাবতারদেরও সকল প্রকার ঈশ্বরীয় ভাব ও শক্তিপ্রকাশ সর্বদা থাকে না; যখন যেটির আবশ্যক হয়, তখনই সেটি এসে উপস্থিত হয়। কাশীপুরের বাগানে বহুকাল ব্যাধির সঙ্গে সংগ্রামে ঠাকুরের শরীর যখন অস্থিচর্মসার হয়ে দাঁড়িয়েছিল, তখন নিজের অন্তরের ভাব ও শক্তির প্রকাশ লক্ষ করে ঠাকুর একদিন আমাদের বলেছিলেন:
“মা দেখিয়ে দিচ্ছে কী যে, (নিজের শরীর দেখিয়ে) এর ভিতর এখন এমন একটা শক্তি এসেছে যে, এখন আর কাউকে ছুঁয়ে দিতেও হবে না; তোদের বলব ছুঁয়ে দিতে, তোরা দিবি, তাতেই অপরের চৈতন্য হয়ে যাবে! মা যদি এবার (শরীর দেখিয়ে) এটা আরাম করে দেন তো দরজায় লোকের ভিড় ঠেলে রাখতে পারবি না—এত সব লোক আসবে। এত খাটতে হবে যে, ঔষধ খেয়ে গায়ের ব্যথা সারাতে হবে!”
ঠাকুরের এই কথাগুলিতেই বোঝা যায়, ঠাকুর স্বয়ং বলছেন যে, আগে কখনও নিজের মধ্যে যে শক্তিপ্রকাশ অনুভব করেননি, তা-ই তখন ভিতরে অনুভব করছিলেন। এমন আরও অনেক দৃষ্টান্ত এ বিষয়ে দেওয়া যেতে পারে।
ভক্তপ্রবর কেশবচন্দ্রের সঙ্গে ঠাকুরের মিলন এবং তার পরেই তাঁর নিজের ভক্তদের আগমন
দিব্যভাবের আবেগে ঠাকুর তখন ব্যাকুলচিত্তে ভক্তদের ওইভাবে ডেকেই নিশ্চিন্ত থাকতে পারলেন না। কোথায় সংবাদ পৌঁছলে তাঁর দক্ষিণেশ্বরে থাকার কথা প্রায় সকল ভক্ত জানতে পারবে, জগদম্বা তাঁকে সে কথা প্রাণে প্রাণে বলে বেলঘরিয়ার উদ্যানে নিয়ে গিয়ে ভক্তপ্রবর শ্রীযুত কেশবচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। এই ঘটনার অল্পদিন পর থেকে ঠাকুরের কৃপাসম্পদের বিশেষভাবে অধিকারী, যাঁদের তিনি ভাবাবস্থায় আগে দেখেছিলেন, সেই স্বামী বিবেকানন্দ ও ব্রহ্মানন্দ প্রমুখ ভক্তেরা একে একে আসতে লাগলেন। ঠাকুর বলালে, তাঁদের সঙ্গে তাঁর দিব্যভাবে লীলার কথা আমরা অন্য সময় বলার চেষ্টা করব। এখন সেই অদৃষ্টপূর্ব দিব্যভাবাবেশে তিনি ১৮৮৫ খ্রিস্টাব্দের রথযাত্রার সময় নিজের ভক্তদের নিয়ে যেভাবে কয়েকটি দিন কাটিয়েছিলেন, দৃষ্টান্ত হিসেবে তারই ছবি পাঠকের চোখের সামনে তুলে ধরে আমরা গুরুভাবপর্বের উপসংহার করি।
[1] Ralph Waldo Emerson – “Consciousness ever moves along a graded plane.”
[2] পঞ্চম অধ্যায় দেখো।
[3] গুরুভাব – পূর্বার্ধের ৬ষ্ঠ ও ৭ম অধ্যায় দেখো।
[4] গুরুভাব – পূর্বার্ধের ৭ম অধ্যায় দেখো।
ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তিং নিগচ্ছতি।
কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্রণশ্যতি॥
– গীতা, ৯/৩১
ঠাকুরে দেব ও মানব উভয় ভাবের সম্মিলন
দিব্যভাবমুখে অবস্থিত শ্রীরামকৃষ্ণদেবের অদ্ভুত চরিত্র সামান্যও বুঝতে হলে ভক্তসঙ্গে তাঁকে দেখতে হবে। কেমন করে কত ভাবে ঠাকুর তাঁর নানা প্রকৃতির ভক্তবৃন্দের সঙ্গে প্রতিদিন ওঠা-বসা, কথাবার্তা, হাসি-তামাশা করতেন—ভাব ও সমাধিতে থাকতেন, তা শুনতে ও তলিয়ে বুঝতে হবে, তবেই তাঁর সেই ভাবের লীলা একটু-আধটু বোঝা যাবে। অতএব ভক্তদের নিয়ে ঠাকুরের এমন কয়েক দিনের লীলাকথাই আমরা এখন পাঠককে উপহার দেব।
আমরা যতদূর দেখেছি, এই অলোকসামান্য মহাপুরুষের অতি সামান্য আচরণাদিও উদ্দেশ্যবিহীন বা অর্থশূন্য ছিল না। এমন অপূর্ব দেব- ও মানব-ভাবের একত্র সম্মিলন আর কোথাও দেখা দুর্লভ—অন্তত পৃথিবীর নানা স্থানে এই পঁচিশ বছর ধরে ঘুরে আমাদের চোখে আর একটিও পড়েনি! কথায় বলে—‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না।’ ঠাকুরের সম্বন্ধে আমাদের অনেকের ভাগ্যে তাই হয়েছে। গলার অসুখের চিকিৎসা করানোর জন্য ভক্তেরা যখন ঠাকুরকে কিছুদিন কলিকাতায় শ্যামপুকুরে এনে রাখেন, তখন শ্রীযুত বিজয়কৃষ্ণ গোস্বামী একদিন তাঁকে দর্শন করতে এসে আমাদের কাছে নিম্নলিখিত কথাগুলি বলেন।
শ্রীযুত বিজয়কৃষ্ণ গোস্বামীর দর্শন
এর কিছুদিন আগে শ্রীযুত বিজয় ঢাকায় থাকার সময় একদিন নিজের ঘরে খিল দিয়ে বসে চিন্তা করতে করতে শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ দর্শন পান এবং তা নিজের মাথার খেয়াল কি না জানার জন্য সামনে দেখা মূর্তির শরীর ও অঙ্গপ্রত্যঙ্গাদি বহুক্ষণ ধরে স্বহস্তে টিপে টিপে দেখে যাচাই করে নেন—সে কথাও সেদিন ঠাকুরের ও আমাদের সামনে তিনি মুক্তকণ্ঠে বলেন।
শ্রীযুত বিজয়—দেশ-বিদেশ পাহাড়-পর্বত ঘুরে ফিরে অনেক সাধু-মহাত্মা দেখলাম, কিন্তু (ঠাকুরকে দেখিয়ে) এমনটি আর কোথাও দেখলাম না; এখানে যে ভাবের পূর্ণ প্রকাশ দেখছি, তারই কোথাও দু-আনা, কোথাও এক-আনা, কোথাও এক-পাই, কোথাও আধ-পাই মাত্র; চার-আনাও কোন জায়গায় দেখলাম না।
ঠাকুর— (মৃদু মৃদু হাসতে হাসতে আমাদের) বলে কী!
শ্রীযুত বিজয়—(ঠাকুরকে) সেদিন ঢাকাতে যেরূপ দেখেছি, তাতে আপনি ‘না’ বললে আমি আর শুনি না, অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন। কলকাতার পাশেই দক্ষিণেশ্বর; যখনি ইচ্ছা তখনি এসে আপনাকে দর্শন করতে পারি। আসতে কোন কষ্ট নাই—নৌকা, গাড়ি যথেষ্ট; ঘরের পাশে এরূপে এত সহজে আপনাকে পাওয়া যায় বলেই আমরা আপনাকে বুঝলাম না। যদি কোন পাহাড়ের চুড়োয় বসে থাকতেন, আর পথ হেঁটে অনাহারে গাছের শিকড় ধরে উঠে আপনার দর্শন পাওয়া যেত, তাহলে আমরা আপনার কদর করতাম; এখন মনে করি ঘরের পাশেই যখন এইরকম, তখন না জানি বাহিরে দূর-দূরান্তরে আরও কত ভাল ভাল সব আছে; তাই আপনাকে ফেলে ছুটোছুটি করে মরি, আর কি!
ভক্তদের সঙ্গে ঠাকুরের অলৌকিক আচরণে তাদের মনে কী হত
বাস্তবিকই তাই! তাঁর কাছে যারা আসত, করুণাময় ঠাকুর তাদের প্রায় সকলকেই নিজের বলে গ্রহণ করতেন, একবার গ্রহণ করলে তারা ছাড়াছাড়ি করলেও আর ছাড়তেন না এবং কখনও কোমল, কখনও কঠোর হাতে তাদের জন্মজন্মার্জিত সংস্কার-রাশিকে শুষ্ক, দগ্ধ করে নিজের নতুন নতুন ভাবে অদৃষ্টপূর্ব, অমৃতময় ছাঁচে নতুন করে গড়ে তাদের চিরশান্তির অধিকারী করতেন! ভক্তেরা নিজ নিজ জীবন-কথা খুলে বললে, এ কথায় আর সন্দেহ থাকবে না। সেজন্য দেখতে পাই, শ্রীযুত নরেন্দ্রনাথ নিজের বাড়িতে থাকতে কোনো এক সময়ে সাংসারিক দুঃখকষ্টে অভিভূত হয়ে এবং এতদিন ধরে শ্রীভগবানের শরণাপন্ন থেকেও তাঁর সাক্ষাৎকার পেলাম না, ঠাকুর কিছুই করে দিলেন না—ভেবে অভিমানে লুকিয়ে গৃহত্যাগে উদ্যত হলে, ঠাকুর তখন তাঁকে তা করতে দিচ্ছেন না। দৈবশক্তি-প্রভাবে তাঁর উদ্দেশ্য জানতে পেরে বিশেষ অনুরোধ করে তাঁকে সেদিন দক্ষিণেশ্বরে সঙ্গে এনেছেন এবং পরে তাঁর অঙ্গ স্পর্শ করে ভাবাবেশে গান ধরেছেন—“কথা কহিতেও ডরাই, না কহিতেও ডরাই; আমার মনে সন্দ হয়, বুঝি তোমায় হারাই—হা, রাই!” এবং নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে তাঁকে নিজের কাছে রাখছেন। আবার দেখি—‘বকল্মা’-লাভে কৃতার্থ হয়েও যখন শ্রীযুত গিরিশ পূর্বসংস্কারের প্রতাপ স্মরণ করে নিশ্চিন্ত ও ভয়শূন্য হতে পারছেন না, তখন তাঁকে অভয় দিয়ে বলছেন, “এ কি ঢোঁড়া সাপে তোকে ধরেছে রে শালা? জাত সাপে ধরেছে—পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে! দেখিস নে? ব্যাঙগুলোকে যখন ঢোঁড়া সাপে ধরে, তখন ক্যাঁ-ক্যাঁ-ক্যাঁ-ক্যাঁ করে হাজার ডাক ডেকে তবে ঠাণ্ডা হয় (মরে যায়), কোনটা বা ছাড়িয়ে পালিয়েও যায়; কিন্তু যখন কেউটে গোখরোতে ধরে তখন ক্যাঁ-ক্যাঁ-ক্যাঁ তিন ডাক ডেকেই আর ডাকতে হয় না, সব ঠাণ্ডা। যদি কোনটা দৈবাৎ পালিয়েও যায় তো গর্তে ঢুকে মরে থাকে। —এখানকার সেইরূপ জানবি!” কিন্তু কে তখন ঠাকুরের সেসব কথা ও ব্যবহারের মর্ম বোঝে? সকলেই ভাবত, ঠাকুরের মতো পুরুষ বুঝি সর্বত্রই আছেন। ঠাকুর যেমন সকলের সব আবদার সয়ে বরাভয়হস্তে সকলের দ্বারে অযাচিত হয়ে ফিরছেন, সর্বত্র বুঝি এমনই। করুণাময় ঠাকুরের স্নেহের আঁচলে আবৃত থেকে ভক্তদের তখন জোর কত, আবদার কত, অভিমানই বা কত! প্রায় সকলেরই মনে হত ধর্মকর্মটা অতি সোজা সহজ জিনিস। যখনই ধর্মরাজ্যের যে ভাব দর্শনাদি লাভ করতে ইচ্ছা হবে, তখনই তা পাব—নিশ্চিত। ঠাকুরকে একটু ব্যাকুল হয়ে জোর করে ধরলেই হল—ঠাকুর তখনই তা অনায়াসে স্পর্শে, বাক্যে বা কেবলমাত্র ইচ্ছাতেই লাভ করিয়ে দেবেন! এর কতই বা দৃষ্টান্ত দেব! লেখার ভিতর দিয়ে কটাই বা বলা যায়!
স্বামী প্রেমানন্দ ভাবসমাধি-লাভের ইচ্ছায় ঠাকুরকে ধরলে তাঁর ভাবনা ও দর্শন
শ্রীযুত বাবুরামের (স্বামী প্রেমানন্দের) ইচ্ছা হল, তাঁর ভাবসমাধি হোক। ঠাকুরকে গিয়ে কান্নাকাটি করে বিশেষভাবে ধরলেন—“আপনি করে দিন।” ঠাকুর তাঁকে শান্ত করে বললেন, “আচ্ছা, মাকে বলব; আমার ইচ্ছাতে কি হয় রে?” —ইত্যাদি। কিন্তু ঠাকুরের সে কথা কে শোনে? বাবুরামের ওই এক কথা—‘আপনি করে দিন।’ এমন আবদারের কয়েক দিন পরেই শ্রীযুত বাবুরামকে কাজের জন্য নিজেদের বাড়ি আঁটপুরে যেতে হল। সেটা ১৮৮৪ খ্রিস্টাব্দে। এদিকে ঠাকুর তো ভেবে আকুল—কী করে বাবুরামের ভাবসমাধি হবে! একে বলেন, ওকে বলেন, “বাবুরাম ঢের করে কাঁদাকাটা করে গেছে যেন তার ভাব হয়—কী হবে? যদি না হয়, তবে সে আর এখানকার (আমার) কথা মানবেনি।” তারপর মাকে (শ্রীশ্রীজগদম্বাকে) বললেন, “মা, বাবুরামের যাতে একটু ভাবটাব হয়, তাই করে দে।” মা বললেন, “ওর ভাব হবে না; ওর জ্ঞান হবে।” শ্রীশ্রীজগদম্বার এই বাণী শুনে ঠাকুরের আবার ভাবনা। আমাদের কারও কারও কাছে বললেনও—“তাইতো বাবুরামের কথা মাকে বললুম, তা মা বললে, ‘ওর ভাব হবেনি, ওর জ্ঞান হবে’; তা যাই হোক, একটা কিছু হয়ে তার মনে শান্তি হলেই হলো; তার জন্যে মনটা কেমন করচে—অনেক কাঁদাকাটা করে গেছে”—ইত্যাদি। আহা, বাবুরামের যাতে কোনোরকমে সাক্ষাৎ ধর্মোপলব্ধি হয়, তার জন্য কতই না ভাবনা! আবার সেই ভাবনার কথা বলার সময় ঠাকুর কেমন করে বলছেন—“এটা না হলে ও (বাবুরাম) আর মানবেনি।” —যেন তার মানা-না-মানার উপর ঠাকুরের সবই নির্ভর করছে!
ভক্তদের সম্বন্ধে ঠাকুরের এত ভাবনা কেন, তা বুঝিয়ে দেওয়া। হাজরা ঠাকুরকে ভাবতে বারণ করলে তাঁর দর্শন ও উত্তর
আবার কখনও কখনও বলতেন—“আচ্ছা, বল দেখি, এই সব এদের (বালক ভক্তদের লক্ষ্য করে) জন্যে এত ভাবি কেন? এর কী হলো, ওর কী হলো না, এত সব ভাবনা হয় কেন? এরা তো সব ইস্কুল বয় (School boy); কিছুই নেই—এক পয়সার বাতাসা দিয়ে যে আমার খবরটা নেবে, সে শক্তি নেই; তবু এদের জন্যে এত ভাবনা কেন? কেউ যদি দুদিন না এসেচে তো অমনি তার জন্যে প্রাণ আঁচোড়-পাঁচোড় করে, তার খবরটা জানতে ইচ্ছা হয়—এ কেন?” যে বালককে জিজ্ঞাসা করলেন, সে হয়তো বলল, “তা কী জানি মশাই কেন হয়। তবে তাদের মঙ্গলের জন্যই হয়।”
ঠাকুর— কী জানিস, এরা সব শুদ্ধসত্ত্ব; কাম-কাঞ্চন এদের এখনও স্পর্শ করেনি, এরা যদি ভগবানে মন দেয় তো তাঁকে লাভ করতে পারবে, এই জন্যে! এখানকার (আমার) যেন গাঁজাখোরের স্বভাব; গাঁজাখোরের যেমন একলা খেয়ে তৃপ্তি হয় না—এক টান টেনেই কলকেটা অপরের হাতে দেওয়া চাই, তবে নেশা জমে—সেই রকম। তবু আগে আগে নরেন্দরের জন্যে যেমনটা হতো, তার মতো এদের কারুর জন্য হয় না। দুদিন যদি (নরেন্দ্রনাথ) আসতে দেরি করেছে তো বুকের ভিতরটায় যেন গামছায় মোচড় দিত! লোকে কী বলবে বলে ঝাউতলায়[1] গিয়ে ডাক ছেড়ে কাঁদতুম। হাজরা[2](এক সময়ে) বলেছিল, ‘ও কী তোমার স্বভাব? তোমার পরমহংস অবস্থা; তুমি সর্বদা তাঁতে (শ্রীভগবানে) মন দিয়ে সমাধি লাগিয়ে তাঁর সঙ্গে এক হয়ে থাকবে; তা না, নরেন্দ্র এল না কেন, ভবনাথের কী হবে—এ সব ভাব কেন?’ শুনে ভাবলুম—ঠিক বলেছে, আর অমনটা করা হবেনি; তারপর ঝাউতলা থেকে আসচি আর (শ্রীশ্রীজগদম্বা) দেখাচ্ছে কী, যেন কলকাতাটা সামনে, আর লোকগুলো সব কাম-কাঞ্চনে দিনরাত ডুবে রয়েছে ও যন্ত্রণা ভোগ কচ্চে। দেখে দয়া এল। মনে হলো, লক্ষগুণ কষ্ট পেয়েও যদি এদের মঙ্গল হয়, উদ্ধার হয় তো তা করব। তখন ফিরে এসে হাজরাকে বললুম—‘বেশ করেছি, এদের জন্যে সব ভেবেছি, তোর কী রে শালা?’
স্বামী বিবেকানন্দ ঠাকুরকে এ বিষয়ে বারণ করলে তাঁর দর্শন ও উত্তর
“নরেন্দর একবার বলেছিল, ‘তুমি অত নরেন্দর নরেন্দর কর কেন? অত নরেন্দর নরেন্দর করলে তোমায় নরেন্দ্রের মতো হতে হবে। ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে হরিণ হয়েছিল।’ নরেন্দরের কথায় খুব বিশ্বাস কি না? শুনে ভয় হলো! মাকে বললুম। মা বললে, ‘ও ছেলেমানুষ; ওর কথা শুনিস কেন? ওর ভেতর নারায়ণকে দেখতে পাস, তাই ওর দিকে টান হয়!’ শুনে তখন বাঁচলুম! নরেন্দরকে এসে বললুম, ‘তোর কথা আমি মানি না; মা বলেছে তোর ভেতর নারায়ণকে দেখি বলেই তোর উপর টান হয়, যেদিন তা না দেখতে পাব, সেদিন থেকে তোর মুখও দেখব না রে শালা’।” এভাবে অদ্ভুত ঠাকুরের অদ্ভুত ব্যবহারের প্রত্যেকটিরই অর্থ ছিল, আর আমরা তা না বুঝে বিপরীত ভাবলে পাছে আমাদের অকল্যাণ হয়, সেজন্য তিনি এমন করে বুঝিয়ে দিতেন।
গুণী ও মানী ব্যক্তিকে ঠাকুরের সম্মান করা—তার কারণ
গুণীর গুণের কদর, মানীর মানরক্ষা ঠাকুরকে সর্বদাই করতে দেখেছি। বলতেন, “ওরে, মানীকে মান না দিলে ভগবান রুষ্ট হন; তাঁর (শ্রীভগবানের) শক্তিতেই তো তারা বড় হয়েছে, তিনিই তো তাদের বড় করেছেন—তাদের অবজ্ঞা করলে তাঁকে (শ্রীভগবানকে) অবজ্ঞা করা হয়।” তাই দেখতে পাই, যখনই ঠাকুর কোথাও কোনো বিশেষ গুণী পুরুষের খবর পেতেন, অমনি তাঁকে কোনো-না-কোনো উপায়ে দর্শন করার জন্য ব্যস্ত হতেন। সেই পুরুষ যদি তাঁর কাছে আসতেন, তা হলে তো কথাই নেই, নইলে অনাহূত হয়েও স্বয়ং তাঁর কাছে গিয়ে তাঁকে দর্শন, প্রণাম ও তাঁর সঙ্গে আলাপ করে আসতেন। বর্ধমানরাজের সভাপণ্ডিত পদ্মলোচন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাশীধামের প্রসিদ্ধ বীণকার মহেশ, শ্রীবৃন্দাবনে সখীভাবে ভাবিতা গঙ্গামাতা, ভক্তপ্রবর কেশব সেন—এমন আরও কত লোকেরই না নাম উল্লেখ করা যেতে পারে—এঁদের প্রত্যেকের বিশেষ বিশেষ গুণের কথা শুনে দর্শন করার জন্য খোঁজ করে ঠাকুর স্বয়ং তাঁদের দ্বারে উপস্থিত হয়েছিলেন।
ঠাকুর অভিমানরহিত হওয়ার জন্য কতদূর করেছিলেন
অবশ্য ঠাকুরের এভাবে অযাচিত হয়ে কারও দ্বারে উপস্থিত হওয়াটা কিছু আশ্চর্যের বিষয় নয়, কারণ ‘আমি এত বড়লোক, আমি অপরের কাছে এমন করে গেলে খেলো হতে হবে, মর্যাদাহানি হবে’—এসব ভাব তো ঠাকুরের মনে কখনও আসত না। অহংকার-অভিমানটাকে তিনি যে একেবারে ভস্ম করে গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন! কালীবাড়িতে কাঙালি-ভোজনের পর কাঙালিদের উচ্ছিষ্ট পাতাগুলি মাথায় করে বয়ে বাইরে ফেলে এসে স্বহস্তে সেই জায়গা পরিষ্কার করেছিলেন; সাক্ষাৎ নারায়ণজ্ঞানে কাঙালিদের উচ্ছিষ্ট পর্যন্ত কোনো এক সময়ে গ্রহণ করেছিলেন; কালীবাড়ির চাকর-বাকরদের শৌচাদির জন্য যে জায়গা নির্দিষ্ট ছিল, তাও এক সময়ে স্বহস্তে ধুয়ে নিজের চুল দিয়ে মুছতে মুছতে[3] জগদম্বার কাছে প্রার্থনা করেছিলেন, ‘মা, ওদের চাইতে বড় এ ভাব আমার যেন কখনও না হয়!’ তাই ঠাকুরের জীবনের অদ্ভুত নিরভিমানতা দেখলেও আমাদের বিস্ময় জাগে না, কিন্তু সাধারণ মানুষের যদি এতটুকু অভিমান কম দেখি তো ‘কী আশ্চর্য’ বলে উঠি! কারণ, ঠাকুর তো আর আমাদের এ সংসারের লোক ছিলেন না!
ঠাকুরের অভিমানরাহিত্যের দৃষ্টান্ত: কৈলাস ডাক্তার ও ত্রৈলোক্যবাবু সম্বন্ধীয় ঘটনা
ঠাকুর কালীবাড়ির বাগানে কোঁচার খুঁটটি গলায় দিয়ে বেড়াচ্ছেন, একজন বাবু তাঁকে সাধারণ মালী ভেবে বললেন, “ওহে, আমাকে ওই ফুলগুলি তুলে দাও তো।” ঠাকুরও দ্বিরুক্তি না করে তাই করে দিয়ে সেখান থেকে সরে গেলেন! মথুরবাবুর পুত্র পরলোকগত ত্রৈলোক্যবাবু এক সময়ে ঠাকুরের ভাগনে হৃদুর (হৃদয়রাম মুখোপাধ্যায়) উপর বিরক্ত হয়ে হৃদয়কে অন্যত্র চলে যেতে হুকুম করেন। সে সময় নাকি ঠাকুরেরও আর কালীবাড়িতে থাকার দরকার নেই—রাগের মাথায় ত্রৈলোক্যবাবু এমন ভাব অন্যের কাছে প্রকাশ করেন। ঠাকুরের কানে সে কথা ওঠামাত্র তিনি হাসতে হাসতে গামছাখানি কাঁধে ফেলে তৎক্ষণাৎ সেখান থেকে যেতে উদ্যত হলেন। প্রায় গেট পর্যন্ত গেছেন, এমন সময় ত্রৈলোক্যবাবু আবার অমঙ্গল-আশঙ্কায় ভীত হয়ে তাঁর কাছে এসে উপস্থিত হলেন এবং ‘আপনাকে তো আমি যেতে বলিনি, আপনি কেন যাচ্ছেন’, ইত্যাদি বলে ঠাকুরকে ফিরতে অনুরোধ করলেন। ঠাকুরও যেন কিছুই হয়নি, এমনভাবে আগের মতো হাসতে হাসতে নিজের ঘরে এসে বসলেন!
বিষয়ী লোকের বিপরীত ব্যবহার
এমন আরও কত ঘটনার কথা বলা যেতে পারে। এসব ব্যবহারে আমরা যত না আশ্চর্য হই, সংসারের আর কেউ যদি অতটা নয়, এতটুকুও তেমন কাজ করে তো একেবারে ধন্য ধন্য করি! কেন না, আমরা মুখে বলি আর নাই বলি, মনের ভিতরে ভিতরে একেবারে ঠিক করে রেখেছি যে, সংসারে থাকতে গেলেই ‘নিজের কোলে ঝোল টানতে হবে’, দুর্বলকে সবল হাতে সরিয়ে নিজের পথ পরিষ্কার করে নিতে হবে, নিজের কথা ষোলো কাহন করে ডঙ্কা বাজাতে হবে, নিজের দুর্বলতাগুলি অন্যের চোখের আড়ালে যত পারি লুকিয়ে রাখতে হবে, আর সরল মনে ভগবানের বা মানুষের উপর ষোলো আনা বিশ্বাস করলে একেবারে ‘কাজের বার’ হয়ে ‘বয়ে’ যেতে হবে! হায় রে সংসার, তোমার আন্তর্জাতিক নীতি, রাজনীতি, সমাজনীতি ও ব্যক্তিগত ধর্মনীতি—সর্বত্রই এমন। তোমার ‘দিল্লীকা লাড্ডু’ যে খেয়েছে সে তো পশ্চাত্তাপ করছেই—যে না খেয়েছে সেও তেমনই করছে।
ঠাকুরের প্রকট হওয়ার সময় ধর্মান্দোলন ও তার কারণ
১৮৮৫ খ্রিস্টাব্দ। এই সময়ে ঠাকুরের বিশেষ প্রকট ভাব। তাঁর অদ্ভুত আকর্ষণে তখন প্রতিদিন কত নতুন নতুন লোক দক্ষিণেশ্বরে এসে তাঁকে দর্শন করে ধন্য হচ্ছে। কলিকাতার ছোট বড় সকলে তখন ‘দক্ষিণেশ্বরের পরমহংস’-এর নাম শুনেছে এবং অনেকে তাঁকে দর্শনও করেছে। আর কলিকাতার জনসাধারণের মন অধিকার করে ভিতরে ভিতরে যেন একটা ধর্মস্রোত নিরন্তর বয়ে চলেছে।[4] এখানে হরিসভা, ওখানে ব্রাহ্মসমাজ, এখানে নামসংকীর্তন, ওখানে ধর্মব্যাখ্যা ইত্যাদিতে তখন কলিকাতা নগরী পূর্ণ। অন্য সকলে এর কারণ না বুঝলেও ঠাকুর বিলক্ষণ বুঝতেন এবং তাঁর স্ত্রী-পুরুষ দু-রকম ভক্তের কাছেই সে কথা অনেকবার বলেছিলেন, আমাদের তো কথাই নেই। একজন স্ত্রী-ভক্ত বলেন, ঠাকুর একদিন তাঁকে সে সম্বন্ধে বলছিলেন—“ওগো, এই যে সব দেখছ, এত হরিসভা-টরিসভা এ সব জানবে (নিজের শরীর দেখিয়ে) এইটের জন্যে। এ সব কি ছিল? কেমন এক রকম সব হয়ে গিয়েছিল! (আবার নিজের শরীর দেখিয়ে) এইটে আসার পর থেকে এ সব এত হয়েছে, ভিতরে ভিতরে একটা ধর্মের স্রোত বয়ে যাচ্ছে!” আবার এক সময়ে ঠাকুর আমাদের বলেছিলেন, “এই যে দেখছ সব ইয়াং বেঙ্গল (Young Bengal) এরা কি ভক্তি-টক্তির ধার ধারত? মাথা নুইয়ে পেরণামটা (প্রণাম) করতেও জানত না! মাথা নুইয়ে আগে পেরণাম করতে করতে তবে এরা ক্রমে ক্রমে মাথা নোয়াতে শিখেছে। কেশবের বাড়িতে দেখা করতে গেলুম, দেখি চেয়ারে বসে লিখছে। মাথা নুইয়ে পেরণাম করলুম, তাতে অমনি ঘাড় নেড়ে একটু সায় দিলে! তারপর আসবার সময় একেবারে ভূঁয়ে মাথা ঠেকিয়ে পেরণাম করলুম। তাতে হাত জোড় করে একবার মাথায় ঠেকাল। তারপর যত যাওয়া-আসা হতে লাগল ও কথাবার্তা শুনতে লাগল, আর মাথা হেঁট করে পেরণাম করতে লাগলুম তত ক্রমে ক্রমে তার মাথা নীচু হয়ে আসতে লাগল। নইলে আগে আগে ওরা কি এ সব ভক্তি-টক্তি করা জানত, না মানত!”
সেই সময়ে কলিকাতায় পণ্ডিত শশধরের আগমন ও ধর্মব্যাখ্যা
নববিধান ব্রাহ্মসমাজ ঠাকুরের সঙ্গলাভ করে যখন খুব জমজমাট চলছে, সেই সময়েই পণ্ডিত শশধর হিন্দুধর্ম ব্যাখ্যা করতে কলিকাতায় এলেন এবং পাশ্চাত্য বিজ্ঞানের দিক দিয়ে হিন্দুদের নিত্যকর্তব্য অনুষ্ঠানগুলি বোঝাতে চেষ্টা করলেন। ‘নানা মুনির নানা মত’ কথাটি সব বিষয়ে সব সময়েই সত্য; পণ্ডিতজীর বৈজ্ঞানিক ধর্মব্যাখ্যা সম্বন্ধেও এ কথা মিথ্যা হয়নি। কিন্তু তাই বলে শ্রোতার হুড়োহুড়ির অভাব ছিল না। অফিস-ফেরতা বাবু-ভায়া ও স্কুল-কলেজের ছাত্রদের ভিড় লেগে যেত। আল্বার্ট হলে স্থানাভাবে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে থাকতে হত। সকলেই স্থির, উদ্গ্রীব—কোনোরকমে পণ্ডিতজীর অপূর্ব ধর্মব্যাখ্যা যদি কিছুটাও শুনতে পায়! আমাদের মনে আছে, আমরাও একদিন কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে দু-পাঁচটা কথা শুনতে পেয়েছিলাম এবং ভিড়ের ভিতর মাথা গুঁজে কোনোরকমে প্রৌঢ়বয়স্ক পণ্ডিতজীর কৃষ্ণশ্মশ্রুরাজি-শোভিত সুন্দর মুখখানি এবং গৈরিকরুদ্রাক্ষশোভিত বক্ষঃস্থলের কিছু অংশ দেখতে পেয়েছিলাম। কলিকাতার অনেক জায়গাতেই তখন ওই এক আলোচনা—শশধর পণ্ডিতের ধর্মব্যাখ্যা!
শশধরকে দেখতে ঠাকুরের ইচ্ছা
বলে ‘কথা কানে হাঁটে’, কাজেই দক্ষিণেশ্বরের মহাপুরুষের কথা পণ্ডিতজীর কাছে এবং পণ্ডিতজীর গুণপনা ঠাকুরের কাছে পৌঁছতে বড় বিলম্ব হল না! ভক্তদেরই কেউ কেউ এসে ঠাকুরের কাছে গল্প করতে লাগলেন, “খুব পণ্ডিত, বলেনও বেশ! বত্রিশাক্ষরী হরিনামের সেদিন দেবীর পক্ষে অর্থ করলেন, শুনে সকলে ‘বাহবা বাহবা’ করতে লাগল, ইত্যাদি।” ঠাকুরও এ কথা শুনে বললেন, “বটে? ঐটি বাবু একবার শুনতে ইচ্ছা করে।” এই বলে ঠাকুর পণ্ডিতকে দেখার ইচ্ছা ভক্তদের কাছে প্রকাশ করেন।
ঠাকুরের শুদ্ধ মনে উদিত বাসনাগুলি সর্বদা সফল হত
দেখা যেত, ঠাকুরের শুদ্ধ মনে যখন যে বাসনার উদয় হত, তা কোনো-না-কোনো উপায়ে পূর্ণ হতই হত। কে যেন সেই বাসনার যত প্রতিবন্ধক ভিতরে ভিতরে সরিয়ে দিয়ে তার সফল হওয়ার পথ পরিষ্কার করে রাখত! আগে শুনেছিলাম বটে, কায়মনোবাক্যে সত্যপালন করতে করতে ও শুদ্ধ পবিত্র ভাব মনে নিরন্তর রাখতে রাখতে মানুষের এমন অবস্থা হয় যে, তখন সে আর কোনো অবস্থায় কোনো প্রকার মিথ্যা ভাব চেষ্টা করেও মনে আনতে পারে না—যা কিছু সংকল্প তার মনে ওঠে সে সবই সত্য হয়। কিন্তু সেটা মানুষের শরীরে যে এতদূর হতে পারে, তা কখনোই বিশ্বাস করতে পারিনি। ঠাকুরের মনের সংকল্পগুলি অতর্কিতভাবে সিদ্ধ হতে বারবার দেখেই সেই কথাটায় আমাদের ক্রমে ক্রমে বিশ্বাস জন্মাল। তা বলে কি ঠাকুরের শরীর থাকতে এ বিষয়ে আমাদের পুরোপুরি বিশ্বাস জন্মেছিল? তিনি বলেছিলেন, “কেশব, বিজয়ের ভিতরে দেখলাম এক-একটি বাতির শিখার মতো (জ্ঞানের) শিখা জ্বলছে, আর নরেন্দরের ভিতর দেখি জ্ঞান-সূর্য রয়েছে! কেশব একটা শক্তিতে জগৎ মাতিয়েছে, নরেনের ভিতর অমন আঠারটা শক্তি রয়েছে।” —এসব তাঁর নিজের সংকল্পের কথা নয়, ভাবাবেশে দেখা-শোনার কথা; কিন্তু এতেই কি তখন বিশ্বাস ঠিক ঠিক দাঁড়াত? কখনও ভাবতাম—হবেও বা, ঠাকুর লোকের ভিতর দেখতে পান; তিনি যখন বলছেন, তখন এর ভিতর কিছু গূঢ় ব্যাপার আছে; আবার কখনও ভাবতাম, জগদ্বিখ্যাত বাগ্মী ভক্ত কেশবচন্দ্র সেন কোথায়, আর শ্রীযুত নরেন্দ্রের মতো একটা স্কুলের ছোঁড়া কোথায়! এ কি কখনও হতে পারে? ঠাকুরের দেখা-শোনার কথার উপরেই যখন এমন সন্দেহ আসত, তখন ঠাকুর ‘এইটি ইচ্ছা হয়’ বলে তাঁর মনোগত যে সংকল্পের কথা বলতেন, সেটি ঘটবে কি না, তা নিয়ে সন্দেহ আসত না—এ কথা কেমন করে বলি।
* * * *
১৮৮৫ খ্রিস্টাব্দের নবযাত্রার সময় ঠাকুর যেখানে যেখানে গিয়েছিলেন
পণ্ডিত শশধরের সম্বন্ধে ঠাকুরের সঙ্গে এমন কথাবার্তা হওয়ার কয়েকদিন পরেই রথযাত্রা এসে পড়ল। রথোৎসবের জন্য নয় দিন নির্দিষ্ট থাকে, তাই একে ‘নবযাত্রা’ বলা হয়। ১৮৮৫ খ্রিস্টাব্দের নবযাত্রার সময় ঠাকুরের সম্বন্ধে অনেকগুলি কথা আমাদের মনে জাগছে। এই বছরেরই সোজা-রথের দিন সকালে ঠাকুর নিমন্ত্রণরক্ষা করতে ঠনঠনিয়ায় শ্রীযুত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন এবং সেখান থেকে বিকেলে পণ্ডিত শশধরকে দেখতে গেলেন; সন্ধ্যার পর ঠাকুর বাগবাজারে শ্রীযুত বলরামবাবুর বাড়িতে রথোৎসবে যোগ দিলেন এবং সে রাত্রি সেখানে থেকে পরদিন সকালে কয়েকজন ভক্তের সঙ্গে নৌকায় করে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ফিরে এলেন। এর কয়েকদিন পরেই আবার পণ্ডিত শশধর আলমবাজার বা উত্তর বরাহনগরের এক জায়গায় ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিতে এসে সেখান থেকে ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে এলেন। তারপর উলটা রথের দিন সকালে ঠাকুর আবার বাগবাজারে বলরামবাবুর বাড়িতে এলেন এবং সেদিন রাত ও তার পরদিন রাত সেখানে ভক্তদের সঙ্গে সানন্দে থেকে তৃতীয় দিন সকালে ‘গোপালের মা’ প্রভৃতি ভক্তদের সঙ্গে নৌকায় করে দক্ষিণেশ্বরে ফিরলেন। উলটা রথের দিনে পণ্ডিত শশধরও ঠাকুরকে দর্শন করতে বলরামবাবুর বাড়িতে স্বয়ং এলেন ও সজলনয়নে করজোড়ে ঠাকুরকে পুনরায় নিবেদন করলেন, “দর্শন-চর্চা করে আমার হৃদয় শুষ্ক হয়ে গেছে; আমায় একবিন্দু ভক্তি দান করুন।” ঠাকুরও তা শুনে ভাবাবিষ্ট হয়ে সেদিন পণ্ডিতজীর হৃদয় স্পর্শ করলেন। সেই সময়ের কথাগুলি পাঠককে এখানে সবিস্তারে বললে মন্দ হবে না।
ঈশানবাবুর পরিচয়
আগেই বলেছি, রথের দিন সকালে ঠাকুর কলিকাতায় ঠনঠনিয়ায় ঈশানবাবুর বাড়িতে এসেছিলেন, সঙ্গে শ্রীযুত যোগেন (স্বামী যোগানন্দ), হাজরা প্রভৃতি কয়েকজন ভক্ত। শ্রীযুত ঈশানের মতো দয়ালু, দানশীল ও ভগবদ্বিশ্বাসী ভক্তের দর্শন সংসারে দুর্লভ। তাঁর আটটি পুত্র, সকলেই কৃতবিদ্য। তৃতীয় পুত্র সতীশ শ্রীযুত নরেন্দ্রের (স্বামী বিবেকানন্দের) সহপাঠী। শ্রীযুত সতীশের পাখোয়াজে অতি সুমিষ্ট হাত ছিল, তাই শ্রীযুত নরেন্দ্রের সুকণ্ঠের তান অনেক সময় সেই বাড়িতে শোনা যেত। ঈশানবাবুর দয়ার কথা উল্লেখ করে স্বামী বিবেকানন্দ আমাদের একদিন বলেছিলেন যে, তা পণ্ডিত বিদ্যাসাগরের চেয়ে কিছুতেই কম ছিল না। স্বামীজী স্বচক্ষে দেখেছেন, ঈশানবাবু কতদিন (বাড়িতে তখন কিছু খাবার তৈরি না থাকায়) নিজের অন্নব্যঞ্জন সমস্ত অভুক্ত ভিখারিকে অর্পণ করে যা-তা খেয়ে দিন কাটিয়ে দিয়েছেন। আর তাঁকে (ঈশানবাবুকে) অপরের দুঃখ-কষ্টের কথা শুনে, তা দূর করা নিজের সাধ্যাতীত দেখে কতদিন যে চোখের জল ফেলতে তিনি (স্বামীজী) দেখেছেন, তাও বলতেন। শ্রীযুত ঈশান যেমন দয়ালু, তেমনি জপ-পরায়ণও ছিলেন। তিনি যে দক্ষিণেশ্বরে নিয়ম করে উদয়াস্ত জপ করতেন, সে কথাও আমরা অনেকে জানতাম। জাপক ঈশান ঠাকুরের বিশেষ প্রিয় ও অনুগ্রহপাত্র ছিলেন। আমাদের মনে আছে, জপ শেষ করে ঈশান যখন একদিন সন্ধ্যায় ঠাকুরের চরণে প্রণাম করতে এলেন, তখন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে তাঁর শ্রীচরণ ঈশানের মস্তকে রাখলেন। পরে বাহ্যদশায় ফিরে এসে জোর দিয়ে ঈশানকে বলতে লাগলেন, “ওরে বামুন, ডুবে যা, ডুবে যা” (অর্থাৎ কেবল ভাসা ভাসা জপ না করে শ্রীভগবানের নামে তন্ময় হয়ে যা)। ইদানীং সকালের পূজা ও জপেই শ্রীযুত ঈশানের প্রায় বিকেল চারটে বেজে যেত। পরে একটু লঘু আহার করে অপরের সঙ্গে কথাবার্তায় বা ভজন-শ্রবণাদিতে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে আবার সান্ধ্য জপে বসে কত ঘণ্টা কাটাতেন। আর বিষয়কর্ম দেখার ভার পুত্রেরাই নিয়েছিল। ঠাকুর ঈশানের বাড়িতে মধ্যে মধ্যে শুভাগমন করতেন এবং ঈশানও কলিকাতায় থাকলে প্রায়ই দক্ষিণেশ্বরে তাঁকে দর্শন করতে আসতেন। নইলে, পবিত্র দেবস্থান ও তীর্থাদি দর্শনে গিয়ে তপস্যায় কাল কাটাতেন।
এ বছর (১৮৮৫ খ্রিঃ) রথের দিনে শ্রীযুত ঈশানের বাড়িতে এসে ঠাকুর ভাটপাড়ার কয়েকজন ভট্টাচার্যের সঙ্গে ধর্মবিষয়ক নানা কথাবার্তা বললেন। পরে স্বামী বিবেকানন্দের মুখে পণ্ডিতজীর কথা শুনে এবং তাঁর বাসা খুব কাছেই জেনে ঠাকুর সেদিন শশধরকে দেখতে গেলেন। পণ্ডিতজী যে কলিকাতায় এসেছেন, সে সংবাদ স্বামীজী প্রথম থেকেই জানতে পেরেছিলেন। কারণ, যাঁদের সাদর নিমন্ত্রণে তিনি ধর্মবক্তৃতা দিতে এসেছিলেন, তাঁদের সঙ্গে স্বামীজীর আগে থেকেই আলাপ-পরিচয় ছিল এবং কলেজ স্ট্রীটে তাঁদের বাড়িতে স্বামীজীর যাতায়াতও ছিল। আবার, পণ্ডিতজীর আধ্যাত্মিক ধর্মব্যাখ্যাগুলি ভ্রমপ্রমাদপূর্ণ বলে স্বামীজীর ধারণা হয়েছিল; তর্কযুক্তি দিয়ে তাঁকে সে কথা বুঝিয়ে দেওয়ার প্রয়াসেও এই সময়ে সেই বাড়িতে স্বামীজীর যাতায়াত কিছু বেড়ে গিয়েছিল। স্বামী ব্রহ্মানন্দ বলেন, এভাবে স্বামীজীই পণ্ডিতজীর সম্বন্ধে অনেক কথা জেনে ঠাকুরকে সেসব বলেছিলেন এবং অনুরোধ করে তাঁকে পণ্ডিত-দর্শনে নিয়ে গিয়েছিলেন। পণ্ডিত শশধরকে দেখতে গিয়ে ঠাকুর সেদিন পণ্ডিতজীকে নানা অমূল্য উপদেশ দিলেন। শ্রীশ্রীজগদম্বার কাছ থেকে ‘চাপরাস’ বা ক্ষমতা না পেয়ে ধর্মপ্রচার করতে গেলে তা সম্পূর্ণ নিষ্ফল হয় এবং কখনও কখনও প্রচারকের অভিমান-অহংকার বাড়িয়ে তুলে তার সর্বনাশের পথ পরিষ্কার করে দেয়, এসব কথা ঠাকুর পণ্ডিতজীকে এই প্রথম দর্শনের সময়েই বলেছিলেন। এই সব জ্বলন্ত শক্তিপূর্ণ মহাবাক্যের ফলেই যে পণ্ডিতজী কিছুকাল পরে প্রচারকার্য ছেড়ে ৺কামাখ্যাপীঠে তপস্যা করতে গিয়েছিলেন, তা আর বলতে হবে না।
যোগানন্দ স্বামীর আচার-নিষ্ঠা
পণ্ডিতজীর কাছ থেকে বিদায় নিয়ে ঠাকুর সেদিন শ্রীযুত যোগেনের সঙ্গে সন্ধ্যায় বাগবাজারে বলরাম বসুর বাড়িতে এসে উপস্থিত হলেন। যোগেন তখন খাওয়াদাওয়ায় বিশেষ ‘আচারী’, কারও বাড়িতে জলগ্রহণ পর্যন্ত করতেন না। কাজেই নিজের বাড়িতে সামান্য জলযোগমাত্র করেই ঠাকুরের সঙ্গে এসেছিলেন। ঠাকুরও তাঁকে কোথাও খেতে অনুরোধ করেননি; কারণ, যোগেনের নিষ্ঠাচারিতার কথা ঠাকুরের অজানা ছিল না। কেবল বলরামবাবুর বাড়িতে, তাঁর শ্রদ্ধাভক্তি ও ঠাকুরের উপরে বিশ্বাস প্রত্যক্ষ করে, শ্রীযুত যোগেন আগে থেকেই ফলমূল-দুধ-মিষ্টান্ন প্রভৃতি খেতেন—এ কথাও ঠাকুর জানতেন। সেজন্য পৌঁছনোর কিছু পরেই ঠাকুর বলরাম প্রভৃতিকে বললেন, “ওগো, এর (যোগেনকে দেখিয়ে) আজ খাওয়া হয়নি, একে কিছু খেতে দাও।” বলরামবাবুও যোগেনকে সাদরে অন্দরে নিয়ে গিয়ে জলযোগ করালেন। ভাবসমাধিতে আত্মহারা ঠাকুর ভক্তদের শারীরিক ও মানসিক প্রত্যেক বিষয়ে কতটা লক্ষ রাখতেন, তারই অন্যতম দৃষ্টান্ত বলে আমরা এ কথা এখানে উল্লেখ করলাম।
বলরাম বসুর বাড়িতে রথোৎসব
বলরামবাবুর বাড়িতে রথে ঠাকুরকে নিয়ে আনন্দের তুফান ছুটত। সেদিন সন্ধ্যার পরেই শ্রীশ্রীজগন্নাথদেবের শ্রীবিগ্রহকে মাল্য-চন্দনাদি দিয়ে ভূষিত করে অন্দরের ঠাকুরঘর থেকে বাইরে আনা হল। তারপর বস্ত্র-পতাকাদি দিয়ে আগেই সাজানো ছোট রথখানিতে বসিয়ে আবার পূজা করা হল। বলরামবাবুর পুরোহিতবংশজ, ঠাকুরের ভক্ত শ্রীযুত ফকীরই সেই পূজা করলেন।
শ্রীযুত ফকীর বলরামবাবুর আশ্রয়ে থেকে বিদ্যালয়ে পড়তেন ও আশ্রয়দাতার একমাত্র শিশুপুত্র রামকৃষ্ণের পড়াশোনার তত্ত্বাবধান করতেন। ইনি বিশেষ নিষ্ঠাপরায়ণ ও ভক্তিমান ছিলেন এবং ঠাকুরকে প্রথম দর্শন করার পর থেকেই তাঁর প্রতি বিশেষ ভক্তিপরায়ণ হয়েছিলেন। ঠাকুর কখনও কখনও এঁর মুখে স্তোত্রাদি শুনতে ভালোবাসতেন এবং শ্রীমচ্ছঙ্করাচার্যকৃত কালীস্তোত্র কীভাবে ধীরে ধীরে প্রত্যেকটি কথা সম্পূর্ণ উচ্চারণ করে আবৃত্তি করতে হয়, তা একদিন এঁকে শিখিয়ে দিয়েছিলেন। ঠাকুর সেদিন সন্ধ্যার সময় ফকীরকে নিজের ঘরের উত্তর দিকের বারান্দায় নিয়ে গিয়ে ভাবাবিষ্ট হয়ে স্পর্শও করেছিলেন এবং ধ্যান করতে বলেছিলেন। এতে ফকীরের অদ্ভুত দর্শনাদি হয়েছিল।
এইবার সংকীর্তন করতে করতে রথ টানা আরম্ভ হল। ঠাকুর স্বয়ং রথের রশি ধরে অল্পক্ষণ টানলেন। পরে ভাবাবেশে তালে তালে সুন্দরভাবে নৃত্য করতে লাগলেন। সে ভাবমত্ত হুংকার ও নৃত্যে মুগ্ধ হয়ে সকলেই তখন আত্মহারা—ভগবদ্ভক্তিতে উন্মাদ! বাইরবাড়ির দোতলার চকমিলান বারান্দাটি ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে এমন নৃত্য, কীর্তন ও রথ টানা চলল; তারপর শ্রীশ্রীজগন্নাথদেব, শ্রীগোবিন্দ ও শ্রীমতী রাধারানী, শ্রীমহাপ্রভু ও তাঁর সাঙ্গোপাঙ্গ এবং পরিশেষে তাঁদের ভক্তবৃন্দ, সকলের পৃথক পৃথক নাম উল্লেখ করে জয়কার দিয়ে প্রণাম করা হল এবং কীর্তন সাঙ্গ হল। পরে রথ থেকে ৺জগন্নাথদেবের শ্রীবিগ্রহকে নামিয়ে তিনতলায় (চিলের ছাদের ঘরে) সাতদিনের মতো স্থানান্তরিত করে স্থাপন করা হল। এর অর্থ—রথে চড়ে ৺জগন্নাথদেব যেন অন্যত্র এসেছেন; সাতদিন পরে আবার এখান থেকে রথে চড়ে নিজের পূর্বস্থানে যাবেন। ৺জগন্নাথদেবের শ্রীবিগ্রহকে এই স্থানে রেখে ভোগ নিবেদন করার পর আগে ঠাকুর ও পরে ভক্তেরা সকলে প্রসাদ গ্রহণ করলেন। ঠাকুর ও তাঁর সঙ্গে আসা যোগেন সে রাত্রি বলরামবাবুর বাড়িতেই রইলেন। অন্য ভক্তদের অনেকেই যে যাঁর জায়গায় চলে গেলেন।
ঠাকুরের প্রতি স্ত্রী-ভক্তদের অনুরাগ
পরদিন সকালে ৮টা বা ৯টার সময় নৌকা ডাকা হল—ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে যাবেন। নৌকা এলে ঠাকুর অন্দরে গিয়ে ৺জগন্নাথদেবকে প্রণাম করলেন এবং ভক্তপরিবারের সকলের প্রণাম স্বয়ং গ্রহণ করে বাইরবাড়ির দিকে আসতে লাগলেন। স্ত্রী-ভক্তেরা সকলে পিছন পিছন ঠাকুরের সঙ্গে সঙ্গে অন্দরের পুব দিকে রান্নাঘরের সামনে ছাদের শেষ পর্যন্ত এসে বিষণ্ণমনে ফিরে গেলেন; কারণ এ অদ্ভুত জীবন্ত ঠাকুরকে ছাড়তে কার প্রাণ চায়? ওই ছাদ থেকে কয়েক পা এগিয়ে তিন-চারটি সিঁড়ি উঠলেই একটি দরজা, এবং সেই দরজাটি পার হলেই বাইরের দোতলার চকমিলান বারান্দা। সব স্ত্রী-ভক্ত ওই ছাদের শেষ পর্যন্ত এসে ফিরলেও একজন যেন আত্মহারা হয়ে ঠাকুরের সঙ্গে সঙ্গে বাইরের চকমিলান বারান্দা পর্যন্ত এলেন—বাইরে যে অপরিচিত পুরুষেরা সব আছে, সে হুঁশ যেন আদৌ নেই।
ঠাকুরের অন্যমনে চলা ও একজন স্ত্রী-ভক্তের আত্মহারা হয়ে পিছনে আসা
ঠাকুর স্ত্রী-ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে ভাবাবেশে এমন গোঁ-ভরে বরাবর চলে আসছিলেন যে, মেয়েরা যে তাঁর পিছন পিছন কতদূর এসে ফিরে গেছেন এবং তাঁদের একজন যে তখনও সেইভাবে তাঁর সঙ্গে আসছেন, সে হুঁশ তাঁর আদৌ ছিল না। ঠাকুরের এমন গোঁ-ভরে চলা যাঁরা চোখে দেখেছেন, তাঁরাই কেবল বুঝতে পারবেন; অপরকে তা বোঝানো কঠিন। বারো বছর ধরে, কেবল বারো বছরই বা বলি কেন, আজন্ম একাগ্রতা অভ্যাসের ফলে ঠাকুরের মন-বুদ্ধি এমন একনিষ্ঠ হয়ে গিয়েছিল যে, তাঁর মন যখন যেখানে বা যে কাজে রাখতেন, তখন ঠিক সেখানেই থাকত—চারপাশে উঁকিঝুঁকি একেবারেই মারত না। আর শরীর ও ইন্দ্রিয়াদি এমন বশীভূত হয়ে গিয়েছিল যে, মনে যখন যে ভাবটি থাকত, তারাও তখন কেবলমাত্র সেই ভাবটিই প্রকাশ করত! একটুও এদিক ওদিক করতে পারত না। এ কথাটি বোঝানো বড় কঠিন। কারণ, নিজ নিজ মনের দিকে তাকালেই আমরা দেখি, নানা প্রকার পরস্পর-বিপরীত ভাবনা যেন একই সঙ্গে রাজত্ব করছে এবং তাদের ভিতর যেটি অভ্যাসের ফলে অপেক্ষাকৃত প্রবল, শরীর ও ইন্দ্রিয়াদি নিষেধ না মেনে তারই বশে ছুটে চলেছে। ঠাকুরের মনের গঠন আর আমাদের মনের গঠন এতই বিভিন্ন!
ঠাকুরের এমন অন্যমনে চলার আর কয়েকটি দৃষ্টান্ত; এমন হওয়ার কারণ
দৃষ্টান্তস্বরূপ আরও অনেক কথা এখানে বলা যেতে পারে। দক্ষিণেশ্বরে নিজের ঘর থেকে ঠাকুর মা কালীকে দর্শন করতে চললেন। ঘরের পুবের দালানে এসে সিঁড়ি দিয়ে ঠাকুরবাড়ির উঠোনে নেমে একেবারে সোজা মা কালীর মন্দিরের দিকে চললেন। ঠাকুরের থাকার ঘর থেকে মা কালীর মন্দিরে যেতে আগে শ্রীরাধাগোবিন্দজীর মন্দির পড়ে; যাওয়ার সময় ঠাকুর সেই মন্দিরে উঠে শ্রীবিগ্রহকে প্রণাম করে মা কালীর মন্দিরে যেতে পারতেন; কিন্তু তা কখনও করতে পারতেন না। একেবারে সরাসরি মা কালীর মন্দিরে গিয়ে প্রণামাদি করে পরে ফিরে আসার সময় ওই মন্দিরে উঠতেন। আমরা তখন ভাবতাম, ঠাকুর মা কালীকে বেশি ভালোবাসেন বলেই বুঝি এমন করেন। পরে একদিন ঠাকুর নিজেই বললেন, “আচ্ছা, এ কী বল্ দেখি? মা কালীকে দেখতে যাব মনে করেছি তো একেবারে সিধে মা কালীর মন্দিরে যেতে হবে। এদিক ওদিক ঘুরে বা রাধাগোবিন্দের মন্দিরে উঠে যে প্রণাম করে যাব, তা হবে না। কে যেন পা টেনে সিধে মা কালীর মন্দিরে নিয়ে যায়—একটু এদিক ওদিক বেঁকতে দেয় না! মা কালীকে দেখার পর, যেথা ইচ্ছা যেতে পারি—এ কেন বল্ দেখি?” আমরা মুখে বলতাম, ‘কী জানি মশাই’; আবার মনে মনে ভাবতাম, ‘এও কি হয়? ইচ্ছা করিলেই আগে রাধাগোবিন্দকে প্রণাম করে যেতে পারেন। মা কালীকে দেখবার ইচ্ছাটা বেশি হয় বলেই বোধ হয় অন্যরূপ ইচ্ছা হয় না’ ইত্যাদি; কিন্তু এ-সব কথা সহজে ভেঙে বলতেও পারতাম না। ঠাকুরই আবার কখনও কখনও এর উত্তরে বলতেন, “কী জানিস? যখন যেটা মনে হয় করব, সেটা তখনই করতে হবে—এতটুকু দেরি সয় না।” কে জানত তখন যে, একনিষ্ঠ মনের গতি ও আচরণাদি এই প্রকারই হয়, এবং ঠাকুরের মনটার অন্তঃস্তর পর্যন্ত সমস্তটা বহুকাল ধরে একনিষ্ঠ হয়ে একেবারে একভাবে তরঙ্গায়িত হয়ে উঠেছে—তাতে অন্য ভাবকে আশ্রয় করে বিপরীত তরঙ্গরাজি আর ওঠেই না। আবার কখনও কখনও বলতেন, “দেখ, নির্বিকল্প অবস্থায় উঠলে তখন তো আর আমি-তুমি, দেখা-শুনা, বলা-কহা কিছুই থাকে না; সেখান থেকে দুই-তিন ধাপ নেমে এসেও এতটা ঝোঁক থাকে যে, তখনও বহু লোকের সঙ্গে বা বহু জিনিস নিয়ে ব্যবহার চলে না। তখন যদি খেতে বসি আর পঞ্চাশ রকম তরকারি সাজিয়ে দেয়, তবু হাত সেসকলের দিকে যায় না, এক জায়গা থেকেই মুখে উঠবে। এমন সব অবস্থা হয়! তখন ভাত ডাল তরকারি পায়েস সব একত্রে মিশিয়ে নিয়ে খেতে হয়!” আমরা এই সমরস অবস্থার দুই-তিন ধাপ নিচের কথা শুনেই অবাক হয়ে থাকতাম। আবার বলতেন, “এমন একটা অবস্থা হয়, তখন কাউকে ছুঁতে পারি না। (ভক্তদের সকলকে দেখিয়ে) এদের কেউ ছুঁলে যন্ত্রণায় চিৎকার করে উঠি।” —আমাদের ভিতর কে-ই বা তখন এ কথার মর্ম বুঝত যে, শুদ্ধসত্ত্ব গুণটা তখন ঠাকুরের মনে এতটা বেশি হয় যে, এতটুকু অশুদ্ধতার স্পর্শ সহ্য করতে পারেন না! পুনরায় বলতেন, “ভাবে আবার একটা অবস্থা হয়, তখন খালি (শ্রীযুক্ত বাবুরাম মহারাজকে দেখিয়ে) ওকে ছুঁতে পারি; ও যদি তখন ধরে[5] তো কষ্ট হয় না। ও খাইয়ে দিলে তবে খেতে পারি।” যাক্ এখন সেসব কথা। আগের কথায় ফিরে যাই।
স্ত্রী-ভক্তটিকে দক্ষিণেশ্বরে যেতে ঠাকুরের আহ্বান
ঠাকুর গোঁ-ভরে চলতে চলতে বাইরের বারান্দায় (যেখানে আগের রাতে রথ টানা হয়েছিল) এসে হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখলেন, সেই স্ত্রী-ভক্তটি ওইভাবে তাঁর পিছনে পিছনে আসছেন। দেখেই দাঁড়ালেন এবং ‘মা আনন্দময়ী, মা আনন্দময়ী’ বলে বার বার প্রণাম করতে লাগলেন। ভক্তটিও ঠাকুরের শ্রীচরণে মাথা রেখে প্রতিপ্রণাম করে ওঠামাত্র ঠাকুর তাঁর মুখের দিকে চেয়ে বললেন, ‘চ না গো মা, চ না!’ কথাগুলি এমনভাবে বললেন এবং ভক্তটিও এমন এক আকর্ষণ অনুভব করলেন যে, আর দিক্বিদিক্ না দেখে (ওঁর বয়স তখন ত্রিশ বছর হবে এবং গাড়ি-পালকি ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় এর আগে কখনও যাতায়াত করেননি) ঠাকুরের পিছন পিছন হেঁটে দক্ষিণেশ্বরে চললেন। কেবল একবারমাত্র ছুটে বাড়ির ভিতর গিয়ে বলরামবাবুর গৃহিণীকে বলে এলেন, “আমি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে চললুম।” সেই ভক্তটি এভাবে দক্ষিণেশ্বরে যাচ্ছেন শুনে আর একটি স্ত্রী-ভক্তও সব কাজ ফেলে তাঁর সঙ্গে চললেন। এদিকে ঠাকুর ভাবাবেশে স্ত্রী-ভক্তটিকে সেইভাবে আসতে বলে আর পিছনে না তাকিয়ে শ্রীযুক্ত যোগেন, ছোট নরেন প্রভৃতি বালক ভক্তদের সঙ্গে নিয়ে সরাসরি নৌকায় গিয়ে বসলেন। স্ত্রী-ভক্ত দুটিও ছুটতে ছুটতে এসে নৌকায় উঠে বাইরের পাটাতনের উপর বসে পড়লেন। নৌকা ছাড়ল।
নৌকায় যেতে যেতে স্ত্রী-ভক্তের প্রশ্নে ঠাকুরের উত্তর—“ঝড়ের আগে এঁটো পাতার মত হয়ে থাকবে”
যেতে যেতে স্ত্রী-ভক্তটি ঠাকুরকে বলতে লাগলেন, “ইচ্ছা হয় খুব তাঁকে ডাকি, তাঁতে ষোল আনা মন দি, কিন্তু মন কিছুতেই বাগ মানে না—কী করি?”
ঠাকুর— তাঁর উপর ভার দিয়ে থাক না গো! ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হয়—সেটা কী জান? পাতাখানা পড়ে আছে; য্যাম্নে হাওয়াতে নিয়ে যাচ্চে ত্যাম্নে উড়ে যাচ্চে, সেই রকম; এই রকম করে তাঁর উপর ভার দিয়ে পড়ে থাকতে হয়—চৈতন্যবায়ু য্যাম্নে মনকে ফেরাবে, ত্যাম্নে ফিরবে, এই আর কি।
এরকম প্রসঙ্গ চলতে চলতে নৌকা কালীবাড়ির ঘাটে এসে লাগল। নৌকা থেকে নেমেই ঠাকুর কালীঘরে[6] গেলেন। স্ত্রী-ভক্তেরা কালীবাড়ির উত্তরে অবস্থিত নহবতখানায়[7] শ্রীশ্রীমাতাঠাকুরানীর কাছে গেলেন এবং তাঁকে প্রণাম করে মা কালীকে প্রণাম করতে মন্দিরের দিকে চললেন।
দক্ষিণেশ্বরে পৌঁছে ঠাকুরের ভাবাবেশ ও ক্ষত শরীরে দেবতাস্পর্শ-নিষেধ সম্বন্ধে ভক্তদের প্রমাণ পাওয়া
এদিকে ঠাকুর বালক ভক্তদের সঙ্গে মা কালীর মন্দিরে এসে তাঁকে প্রণাম করলেন এবং ভাবাবিষ্ট হয়ে নাটমন্দিরে এসে বসে মধুর কণ্ঠে গাইতে লাগলেন –
ভুবন ভুলাইলি মা ভবমোহিনি।
মূলাধারে মহোৎপলে বীণাবাদ্য-বিনোদিনি॥
শরীরে শারীরি যন্ত্রে, সুষুম্নাদি ত্রয় তন্ত্রে,
গুণভেদে মহামন্ত্রে তিনগ্রাম-সঞ্চারিণি॥
আধারে ভৈরবাকার, ষড়দলে শ্রীরাগ আর
মণিপুরেতে মল্লার বসন্তে হৃদ্প্রকাশিনি॥
বিশুদ্ধে হিন্দোল সুরে, কর্ণাটক আজ্ঞাপুরে
তান মান লয় সুরে ত্রিসপ্ত-সুরভেদিনি॥
শ্রীনন্দকুমারে কয়, তত্ত্ব না নিশ্চয় হয়
তব তত্ত্ব গুণত্রয় কাকীমুখ-আচ্ছাদিনি॥
নাটমন্দিরের উত্তর প্রান্তে শ্রীশ্রীজগদম্বার সামনে বসে ঠাকুর এভাবে গাইছেন, সঙ্গী ভক্তেরা কেউ বসে কেউ দাঁড়িয়ে স্তম্ভিত হৃদয়ে তা শুনে মোহিত হয়ে রয়েছেন। গাইতে গাইতে ভাবাবিষ্ট হয়ে ঠাকুর সহসা দাঁড়িয়ে উঠলেন, গান থেমে গেল, মুখের অদৃষ্টপূর্ব হাসি যেন সেই স্থানে আনন্দ ছড়িয়ে দিল—ভক্তেরা নিস্পন্দ হয়ে এবার ঠাকুরের শ্রীমূর্তিই দেখতে লাগলেন। তখন ঠাকুরের শরীর একটু হেলেছে দেখে পাছে পড়ে যান ভেবে শ্রীযুত ছোট নরেন তাঁকে ধরতে উদ্যত হলেন। কিন্তু তিনি স্পর্শ করামাত্র ঠাকুর যন্ত্রণায় বিকট চিৎকার করে উঠলেন। ছোট নরেন নিজের স্পর্শ ঠাকুরের এখন অভিপ্রেত নয় বুঝে সরে দাঁড়ালেন, এবং ঠাকুরের ভাইপো শ্রীযুত রামলাল মন্দিরের ভিতর থেকে ঠাকুরের সেই অব্যক্ত কষ্টসূচক শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি এসে ঠাকুরের শ্রীঅঙ্গ ধরলেন। কিছুক্ষণ এভাবে থেকে নাম শুনতে শুনতে ঠাকুরের ধীরে ধীরে বাহ্য চৈতন্য হল; কিন্তু তখনও যেন প্রবল নেশার ঝোঁকে সহজভাবে দাঁড়াতে পারছিলেন না। পা বেজায় টলছিল।
এই অবস্থায় কোনোরকমে হামা দেওয়ার মতো করে ঠাকুর নাটমন্দিরের উত্তরের সিঁড়িগুলি দিয়ে মন্দিরের প্রাঙ্গণে নামতে লাগলেন ও ছোট শিশুর মতো বলতে লাগলেন, “মা, পড়ে যাব না—পড়ে যাব না?” বাস্তবিকই তখন ঠাকুরকে দেখে মনে হতে লাগল, তিনি যেন একটি ছোট তিন-চার বছরের ছেলে, মার দিকে চেয়ে সেই কথাগুলি বলছেন, আর মার নয়নে নয়ন রেখে ভরসা পেয়েই সিঁড়িগুলি নামতে পারছেন! অতি সামান্য বিষয়েও এমন অপরূপ নির্ভরের ভাব আর কি কোথাও দেখতে পাব?
ভাবাবেশে কুণ্ডলিনী-দর্শন ও ঠাকুরের কথা
প্রাঙ্গণ পার হয়ে ঠাকুর এবার নিজের ঘরে এসে পশ্চিম দিকের গোল বারান্দায় গিয়ে বসলেন—তখনও ভাবাবিষ্ট। সে ভাব আর ছাড়ে না—কখনও একটু কমে, আবার বেড়ে বাহ্যচৈতন্য লুপ্তপ্রায় হয়! এভাবে কিছুক্ষণ থাকার পর ভাবাবস্থায় ঠাকুর সঙ্গী ভক্তদের বলতে লাগলেন, “তোমরা সাপ দেখেছ? সাপের জ্বালায় গেলুম!” আবার তখনই যেন ভক্তদের ভুলে সর্পাকৃতি কুলকুণ্ডলিনীকেই (তাঁকেই যে ঠাকুর সেই ভাবাবস্থায় দেখছিলেন, এ কথা আর বলতে হবে না) সম্বোধন করে বললেন, “তুমি এখন যাও বাবু; ঠাক্রুণ, তুমি এখন সর; আমি তামাক খাব, মুখ ধোব, দাঁতন হয়নি”—ইত্যাদি। এমনি করে কখনও ভক্তদের সঙ্গে এবং কখনও ভাবাবেশে দেখা মূর্তির সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর ক্রমে সাধারণ মানুষের মতো বাহ্যচৈতন্য ফিরে পেলেন।
আগত ভক্তেরা সব কী খাবে, ভাবভঙ্গে তা নিয়ে ঠাকুরের চিন্তা ও স্ত্রী-ভক্তদের বাজার করতে পাঠানো
সাধারণ মানুষের মতো যখন থাকতেন, তখন ঠাকুরের ভক্তদের জন্যই চিন্তা। শ্রীশ্রীমাতাঠাকুরানীকে জিজ্ঞাসা করে পাঠালেন, ঘরে কিছু তরিতরকারি আছে কি না। শ্রীশ্রীমা উত্তরে ‘কিছুই নেই’ বলে পাঠালে ঠাকুরের আবার ভাবনা হল, ‘কে এখন বাজারে যায়’; কারণ, বাজার থেকে কিছু শাকসবজি কিনে না আনলে কলিকাতা থেকে আসা স্ত্রী-পুরুষ ভক্তেরা খাবে কী দিয়ে? ভেবেচিন্তে স্ত্রী-ভক্ত দুটিকে বললেন, “বাজার করতে যেতে পারবে?” তাঁরাও বললেন, ‘পারব’ এবং বাজারে গিয়ে দুটো বড় বেগুন, কিছু আলু ও শাক কিনে আনলেন; শ্রীশ্রীমা সেগুলি রান্না করলেন। কালীবাড়ি থেকেও ঠাকুরের নিত্য বরাদ্দ এক থাল মা কালীর প্রসাদ এল। পরে ঠাকুরের খাওয়া শেষ হলে ভক্তেরা সকলে প্রসাদ পেলেন।
তারপর, ঠাকুরের ভাবাবস্থার সময় শ্রীযুত ছোট নরেন ধরতে গেলে ঠাকুরের অমন কষ্ট কেন হয়েছিল, খোঁজ করে তার কারণ জানা গেল। ছোট নরেনের মাথার বাঁ দিককার রগে একটি ছোট আব হয়েছিল ও ক্রমে সেটি বড় হচ্ছিল। সেটা পরে যন্ত্রণাদায়ক হবে বলে ডাক্তারেরা ওষুধ দিয়ে ওই জায়গাটিতে ঘা করে দিয়েছিল। আগে শুনেছিলাম বটে, শরীরে ক্ষত থাকলে দেবমূর্তি স্পর্শ করতে নেই, কিন্তু কথাটার সত্যতা যে আমাদের চোখের সামনে এভাবে প্রমাণিত হবে, তা আর কে ভেবেছিল! দেবভাবে তন্ময়ত্ব লাভ করে বাহ্যজ্ঞান একেবারে লুপ্ত হলেও ঠাকুর যে কী অন্তর্নিহিত দৈবশক্তিবলে এমন করে উঠলেন, তা বোঝা সাধ্য নয়; কিন্তু তাঁর যে বাস্তবিকই কষ্ট হয়েছিল, এ কথা নিঃসন্দেহ। ছোট নরেনকে ঠাকুর কত শুদ্ধস্বভাব বলতেন, তা আমাদের জানা ছিল, এবং সাধারণ অবস্থায় ঠাকুর আর সকলের মতো তাঁকে ছুঁতেন, পদস্পর্শ করতে দিতেন ও তাঁর সঙ্গে একত্র বসা-দাঁড়ানো করতেন—শরীরে এমন ক্ষতস্থান থাকলেও। তাই তিনিই বা কেমন করে জানবেন, ভাবের সময় ঠাকুর এভাবে তাঁর স্পর্শ সহ্য করতে পারবেন না? যা হোক, তখন থেকে তিনি যত দিন না সেই ক্ষতটি সারল, তত দিন আর ভাবাবস্থার সময় ঠাকুরকে স্পর্শ করতেন না।
ঠাকুরের সঙ্গে নানা সৎপ্রসঙ্গে সমস্ত দিন কোথা দিয়ে কেটে গেল। পরে সন্ধ্যা হয়ে আসছে দেখে ভক্তেরা যে যাঁর বাড়ির দিকে চললেন। স্ত্রী-লোক দুটিও ঠাকুরের ও শ্রীশ্রীমার কাছে বিদায় নিয়ে হেঁটে কলিকাতায় এলেন।
বালকস্বভাব ঠাকুরের বালকের মতো ভয়
এই ঘটনাগুলির পরে দুই-তিন দিন কেটে গেছে! আজ বিকেলে পণ্ডিত শশধর ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসবেন। বালকস্বভাব ঠাকুরের অনেক সময় বালকের মতো ভয়ও হত। বিশেষ কোনো খ্যাতনামা ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে আসবেন শুনলেই ভয় পেতেন। ভাবতেন, তিনি তো লেখাপড়া কিছুই জানেন না, তার উপর কখন কেমন ভাবাবেশ হয়, তার তো কিছুই ঠিক-ঠিকানা নেই, আবার তার উপর ভাবের সময় নিজের শরীরেরই হুঁশ থাকে না তো পরনের কাপড়-চোপড়ের! —এমন অবস্থায় আগন্তুক কী ভাববে ও বলবে! আমাদের মনে হত, আগন্তুক যা-ই ভাবুক না কেন, তাতে তাঁর কী এসে গেল? তিনি তো নিজেই বার বার কত লোককে শিক্ষা দিচ্ছেন, ‘লোক না পোক (কীট); লজ্জা ঘৃণা ভয়—তিন থাকতে নয়।’ তবে কি ইনি নামযশের কাঙালি? কিন্তু যাচাই করে দেখতে গেলেই, দেখতাম—বালক যেমন কোনো অপরিচিত লোককে দেখলে ভয়ে লজ্জায় জড়সড় হয়, আবার একটু পরিচয় হলে সেই লোকেরই কাঁধে পিঠে চড়ে চুল টেনে নিঃশঙ্ক চিত্তে নানারকম মিষ্টি অত্যাচার করে—ঠাকুরের এই ভাবটিও ঠিক তেমনই। নইলে মহারাজ যতীন্দ্রমোহন, সুবিখ্যাত কৃষ্ণদাস পাল প্রভৃতির সঙ্গে তিনি যে রকম স্বাধীনভাবে কথাবার্তা বলেছিলেন, তা থেকে বেশ বোঝা যায় যে, নামযশের কিছুমাত্র ইচ্ছা ভিতরে থাকলে তিনি তাঁদের সঙ্গে কখনোই ওভাবে কথা বলতে পারতেন না।[8]
আবার কখনও কখনও দেখা গেছে, পাছে আগন্তুকের অকল্যাণ হয় ভেবে ঠাকুর ভয়ও পেতেন। কারণ, তাঁর আচরণ ও ব্যবহার প্রভৃতি বুঝতে পারুক বা না-ই পারুক, তাতে ঠাকুরের কিছু এসে যেত না সত্যি; কিন্তু বুঝতে না পেরে আগন্তুক যদি ঠাকুরের অযথা নিন্দাবাদ করত, তাতে তারই অকল্যাণ নিশ্চিত জেনেই ঠাকুর এমন ভয় পেতেন। তাই শ্রীযুত গিরিশ অভিমান-আবদারে এক সময়ে ঠাকুরের সামনে তাঁর প্রতি নানা কটূক্তি করলে ঠাকুর বলেছিলেন, “ওরে, ও আমাকে যা বলে বলুকগে, আমার মাকে কিছু বলেনি তো?” যাক এখন সে কথা।
শশধর পণ্ডিত দ্বিতীয় দিন ঠাকুরকে দর্শন করলেন
পণ্ডিত শশধর তাঁর সঙ্গে দেখা করতে আসবেন শুনে ঠাকুরের আর ভয়ের সীমা-পরিসীমা নেই। শ্রীযুত যোগেন (স্বামী যোগানন্দ), শ্রীযুত ছোট নরেন ও আরও অনেককে বললেন, “ওরে, তোরা তখন (পণ্ডিতজী যখন আসবেন) থাকিস!” ভাবটা এই যে, তিনি মূর্খ মানুষ, পণ্ডিতের সঙ্গে কথা বলতে গিয়ে কী বলতে কী বলবেন, তাই আমরা সব উপস্থিত থেকে পণ্ডিতজীর সঙ্গে কথাবার্তা বলব ও ঠাকুরকে সামলাব! আহা, সে ছেলেমানুষের মতো ভয়ের কথা অপরকে বোঝানো দুষ্কর। কিন্তু পণ্ডিত শশধর যখন সত্যিই এসে উপস্থিত হলেন, তখন ঠাকুর যেন আর একজন! হাস্যপ্রস্ফুরিতাধরে স্থির দৃষ্টিতে পণ্ডিতের দিকে তাকিয়ে থাকতে থাকতে তাঁর অর্ধবাহ্যদশার মতো অবস্থা হল এবং পণ্ডিত শশধরকে সম্বোধন করে বললেন, “ওগো, তুমি পণ্ডিত, তুমি কিছু বল।”
শশধর— মহাশয়, দর্শন-শাস্ত্র পড়ে আমার হৃদয় শুষ্ক হয়ে গেছে; তাই আপনার কাছে এসেছি ভক্তিরস পাব বলে; অতএব আমি শুনি, আপনি কিছু বলুন।
ঠাকুর— আমি আর কী বলব, বাবু! সচ্চিদানন্দ যে কী (পদার্থ) তা কেউ বলতে পারে না! তাই তিনি প্রথম হলেন অর্ধনারীশ্বর। কেন? —না, দেখাবেন বলে যে পুরুষ প্রকৃতি দুই-ই আমি। তারপর তা থেকে আরও এক থাক নেবে আলাদা আলাদা পুরুষ ও আলাদা আলাদা প্রকৃতি হলেন।
এভাবে আরম্ভ করে আধ্যাত্মিক নিগূঢ় কথাগুলি বলতে বলতে ঠাকুর উদ্দীপ্ত হয়ে দাঁড়িয়ে উঠলেন এবং পণ্ডিত শশধরকে সম্বোধন করে বলতে লাগলেন।
ঠাকুর— সচ্চিদানন্দে যতদিন মন না লয় হয় ততদিন তাঁকে ডাকা ও সংসারের কাজ করা দুই-ই থাকে। তারপর তাঁতে মন লয় হলে, আর কোন কাজ করবার প্রয়োজন থাকে না। যেমন ধর কীর্তন গাইছে—‘নিতাই আমার মাতা (মত্ত) হাতি।’ যখন প্রথম গান ধরেছে তখন গানের কথা, সুর, তাল, মান, লয়—সকল দিকে মন রেখে ঠিক করে গাইছে। তারপর যেই গানের ভাবে মন একটু লয় হয়েছে তখন কেবল বলছে—‘মাতা হাতি, মাতা হাতি।’ পরে যেই আরও মন ভাবে লয় হলো অমনি খালি বলছে—‘হাতি, হাতি।’ আর, যেই মন আরও ভাবে লয় হলো অমনি ‘হাতি’ বলতে গিয়ে ‘হা –’ (বলেই হাঁ করে রইল)!
ঠাকুর এভাবে ‘হা –’ পর্যন্ত বলেই ভাবাবেশে একেবারে নির্বাক নিস্পন্দ হয়ে গেলেন এবং সেই অবস্থায় প্রায় পনেরো মিনিট ধরে প্রসন্নোজ্জ্বলবদনে বাহ্যজ্ঞান-শূন্য হয়ে রইলেন। ভাবাবসানে আবার শশধরকে সম্বোধন করে বললেন।
ঠাকুর— ওগো পণ্ডিত, তোমায় দেখলুম।[9] তুমি বেশ লোক। গিন্নী যেমন রেঁধেবেড়ে সকলকে খাইয়ে-দাইয়ে গামছাখানা কাঁধে ফেলে পুকুরঘাটে গা ধুতে, কাপড় কাচতে যায়, আর হেঁশেল-ঘরে ফেরে না—তুমিও তেমনি সকলকে তাঁর কথা বলে কয়ে যে যাবে, আর ফিরবে না!
পণ্ডিত শশধর ঠাকুরের এই কথা শুনে, ‘সে আপনাদের অনুগ্রহ’—বলে ঠাকুরের পদধূলি বারংবার নিতে লাগলেন এবং তাঁর সেই সব কথা শুনতে শুনতে স্তম্ভিত হয়ে ও আর্দ্র হৃদয়ে ভগবদ্বস্তু জীবনে লাভ হল না ভেবে অশ্রু বিসর্জন করতে লাগলেন।
ঠাকুর সেদিনের কথা একজন ভক্তকে নিজে যেমন বলেছিলেন
পণ্ডিত শশধর দক্ষিণেশ্বরে আসার পরদিন আমাদের একজন পরম বন্ধু ঠাকুরের কাছে এলে, ঠাকুর যেভাবে সে কথা তাঁকে বলেছিলেন—সেটাই আমরা এখন এখানে বলব।
ঠাকুর— ওগো, দেখছই তো এখানে ওসব (লেখাপড়া) কিছু নেই, মুখ্যু-শুখ্যু মানুষ, পণ্ডিত দেখা করতে আসবে শুনে বড় ভয় হলো। এই তো দেখছ, পরনের কাপড়েরই হুঁশ থাকে না, কী বলতে কী বলব ভেবে একেবারে জড়সড় হলুম! মাকে বললুম, ‘দেখিস, মা, আমি তো তোকে ছাড়া শাস্তর (শাস্ত্র) মাস্তর কিছুই জানি না, দেখিস।’ তারপর একে বলি ‘তুই তখন থাকিস’, ওকে বলি ‘তুই তখন আসিস—তোদের সব দেখলে তবু ভরসা হবে।’ পণ্ডিত যখন এসে বসল তখনও ভয় রয়েছে—চুপ করে বসে তার দিকেই দেখছি, তার কথাই শুনছি, এমন সময় দেখছি কী—যেন তার (পণ্ডিতের) ভেতরটা মা দেখিয়ে দিচ্ছে—শাস্তর (শাস্ত্র) মাস্তর পড়লে কী হবে, বিবেক বৈরাগ্য না হলে ওসব কিছুই নয়! তার পরেই সড় সড় করে (নিজের শরীর দেখিয়ে) একটা মাথার দিকে উঠে গেল আর ভয়-ডর সব কোথা চলে গেল! একেবারে বিভ্ভুল হয়ে গেলুম! মুখ উঁচু হয়ে গিয়ে তার ভিতর থেকে যেন একটা কথার ফোয়ারা বেরুতে লাগল—এমনটা বোধ হতে লাগল! যত বেরুচ্চে, তত ভেতর থেকে যেন কে ঠেলে ঠেলে যোগান দিচ্চে! ও দেশে (কামারপুকুরে) ধান মাপবার সময় যেমন একজন ‘রামে রাম, দুইয়ে দুই’ করে মাপে, আর একজন তার পেছনে বসে রাশ (ধানের রাশি) ঠেলে দেয়, সেইরূপ। কিন্তু কী যে সব বলেছি, তা কিছুই জানি না! যখন একটু হুঁশ হলো তখন দেখছি কী যে, সে (পণ্ডিত) কাঁদছে, একেবারে ভিজে গেছে! ঐ রকম একটা আবস্থা (অবস্থা) মাঝে মাঝে হয়। কেশব যেদিন খবর পাঠালে, জাহাজে করে গঙ্গায় বেড়াতে নিয়ে যাবে, একজন সাহেবকে (ভারতভ্রমণে আগত পাদ্রি কুক্) সঙ্গে করে নিয়ে আসচে, সেদিনও ভয়ে কেবলই ঝাউতলার দিকে (শৌচে) যাচ্চি! তারপর যখন তারা এল আর জাহাজে উঠলুম, তখন এই রকমটা হয়ে গিয়েছিল! আর কত কী বলেছিলুম! পরে এরা (আমাদের দেখিয়ে) সব বললে, ‘খুব উপদেশ দিয়েছিলেন।’ আমি কিন্তু বাবু কিছুই জানিনি!
ঠাকুরের অলৌকিক ব্যবহার দেখে অন্যান্য অবতারের সম্বন্ধে প্রচলিত এমন সব কথা সত্য বলে বিশ্বাস হয়
অদ্ভুত ঠাকুরের এমন অদ্ভুত অবস্থার কথা কেমন করে বুঝব? আমরা অবাক হয়ে হাঁ করে শুধু শুনতাম। কী এক অদৃষ্টপূর্ব শক্তি যে তাঁর শরীর-মনটাকে আশ্রয় করে এই সব অপূর্ব লীলার বিস্তার করত, অভূতপূর্ব আকর্ষণে যাকে ইচ্ছা টেনে এনে দক্ষিণেশ্বরে উপস্থিত করত ও ধর্মরাজ্যের উচ্চতর স্তরগুলিতে আরোহণের সামর্থ্য দিত, তা দেখেও বোঝা যেত না। তবে ফল দেখে বোঝা যেত, সত্যিই এমন হচ্ছে, এই পর্যন্ত। কতবারই না আমাদের চোখের সামনে দেখেছি, অতি দ্বেষী লোক দ্বেষ করার জন্য ঠাকুরের কাছে এসেছে এবং ঠাকুরও সেই শক্তিপ্রভাবে আত্মহারা হয়ে ভাবাবেশে তাকে স্পর্শ করেছেন, আর সেই ক্ষণ থেকে তার ভিতরের স্বভাব আমূল পরিবর্তিত হয়ে সে নব জীবন লাভ করে ধন্য হয়েছে। বেশ্যা মেরীকে স্পর্শ করামাত্র ঈশা নতুন জীবন দান করলেন, ভাবাবেশে শ্রীচৈতন্য কারও স্কন্ধে আরোহণ করলেন ও তার ভিতরের সংশয়, অবিশ্বাস প্রভৃতি পাষণ্ড ভাবগুলি দলিত হল এবং সে ভক্তি লাভ করল। ভগবদবতারদের জীবনী পড়তে গিয়ে সেই সব ঘটনার বর্ণনা দেখে আগে আগে ভাবতাম, শিষ্য-প্রশিষ্যদের গোঁড়ামি ও দলপুষ্টি করার হীন ইচ্ছা থেকেই এমন সব মিথ্যা কল্পনা লিপিবদ্ধ হয়ে ধর্মরাজ্যের যথাযথ সত্যলাভের পথে বিষম অন্তরায় হয়ে রয়েছে! আমাদের মনে আছে, হরিনামে শ্রীচৈতন্যের বাহ্যজ্ঞান লুপ্ত হত—এ কথাটি নববিধান সমাজ থেকে প্রকাশিত ‘ভক্তিচৈতন্যচন্দ্রিকা’ নামের গ্রন্থে সত্য বলে স্বীকার করা হয়েছে দেখে আমরা তখন ভেবেছিলাম, গ্রন্থকারের মস্তিষ্কে কিছু গোলমাল হয়েছে! কী কূপমণ্ডুকই না আমরা তখন ছিলাম এবং ঠাকুরের দর্শন না পেলে কী দুর্দশাই না আমাদের হত! ঠাকুরের দর্শন পেয়ে এখন ‘ছাইতে না জানি গোড় চিনি’—অন্তত এ অবস্থাটাও হয়েছে। এখন নিজের পাজি মন যে নানা সন্দেহ তুলে, বা অপরে যে নানা কথা বলে একটা যা-তাকে ধর্ম বলে বুঝিয়ে যাবে, সেটার হাত থেকে অন্তত নিষ্কৃতি পেয়েছি; আর ভক্তিবিশ্বাসাদি যে অন্যান্য বস্তুর মতো হাতে হাতে অপরকে সাক্ষাৎভাবে দেওয়া যায়, এ কথাটিও এখন জানতে পেরে ‘অহেতুক কৃপাসিন্ধু’ ঠাকুরের কৃপাকণা লাভ করে অমৃতত্ব যে পাব, তা ধ্রুব বুঝে আশাপথ চেয়ে পড়ে আছি।
[1] রানী রাসমণির কালীবাড়ির উত্তরাংশের ঝাউগাছগুলি। বাগানের ওই অংশ শৌচাদির জন্য নির্দিষ্ট থাকায় ওদিকে কেউ অন্য কোনো কারণে যেত না।
[2] শ্রীযুত প্রতাপচন্দ্র হাজরা।
[3] ঠাকুরের সাধনকালে নিজের শরীরের দিকে আদৌ দৃষ্টি না থাকায় মাথায় বড় বড় চুল হয়েছিল ও ধুলো লেগে তা আপনা-আপনি জট পাকিয়ে গিয়েছিল।
[4] চতুর্থ অধ্যায় দেখো।
[5] ভাবাবেশ হলে ঠাকুরের শরীর-জ্ঞান না থাকায় অঙ্গপ্রত্যঙ্গাদি (হাত, মুখ, ঘাড় ইত্যাদি) বেঁকে যেত এবং কখনও বা সমস্ত শরীরটা হেলে পড়ে যাওয়ার মতো হত। তখন নিকটস্থ ভক্তেরা সেই সব অঙ্গ ধরে ধীরে ধীরে যথাযথভাবে ঠিক করে দিতেন এবং পাছে ঠাকুর পড়ে গিয়ে আঘাত পান, সেজন্য তাঁকে ধরে থাকতেন। আর যে দেবদেবীর ভাবে ঠাকুরের ওই অবস্থা, সেই দেবদেবীর নাম তখন তাঁর কর্ণকুহরে শোনাতে থাকতেন, যেমন – কালী কালী, রাম রাম, ওঁ ওঁ বা ওঁ তৎ সৎ ইত্যাদি। এভাবে শোনাতে শোনাতে তবে ধীরে ধীরে ঠাকুরের আবার বাহ্য চৈতন্য আসত। ঠাকুর যখন যে ভাবে আবিষ্ট ও আত্মহারা হতেন, সেই নাম ছাড়া অপর নাম শোনালে তাঁর বিষম যন্ত্রণাবোধ হত।
[6] মা কালীর মন্দিরকে ঠাকুর ‘কালীঘর’ ও রাধাগোবিন্দজীর মন্দিরকে ‘বিষ্ণুঘর’ বলতেন।
[7] এই নহবতখানার নিচের ঘরে শ্রীশ্রীমা শুতেন এবং সবরকম জিনিসপত্র রাখতেন। নিচের ঘরের সামনের রকে রান্নাবান্না হত। উপরের ঘরে দিনের বেলায় কখনও কখনও উঠতেন এবং কলিকাতা থেকে আসা স্ত্রী-ভক্তদের সংখ্যা বেশি হলে সেখানে শুতে দিতেন।
[8] মহারাজ যতীন্দ্রমোহনকে প্রথমেই বলেছিলেন, “তা বাবু, আমি কিন্তু তোমায় রাজা বলতে পারব না; মিথ্যা কথা বলব কিরূপে?” আবার মহারাজ যতীন্দ্রমোহন নিজের কথা বলতে বলতে যখন ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে নিজেকে তুলনা করলেন, তখন ঠাকুর বিশেষ বিরক্ত হয়ে তাঁর এমন বুদ্ধির নিন্দা করেছিলেন। শ্রীযুত কৃষ্ণদাস পালও যখন জগতের উপকার করা ছাড়া আর কোনো ধর্মই নেই ইত্যাদি বলে ঠাকুরের সঙ্গে তর্ক তুললেন, তখন ঠাকুর বিশেষ বিরক্ত হয়ে তাঁর বুদ্ধির দোষ দেখিয়ে দিলেন।
[9] অর্থাৎ সমাধির সাহায্যে উচ্চভূমিতে উঠে তোমার অন্তরে কেমন সব পূর্বসংস্কার আছে, তা দেখলাম।
নবীন-নীরদ-শ্যামং নীলেন্দীবরলোচনম্।
বল্লবীনন্দনং বন্দে কৃষ্ণং গোপালরূপিণম্।
স্ফুরদ্বর্হদলোদ্বদ্ধ-নীল-কুঞ্চিত-মূর্ধজম্।
* * *
বল্লবীবদনাম্ভোজ-মধুপান-মধুব্রতম্॥
– শ্রীগোপালস্তোত্র
যো যো যাং যাং তনুং ভক্তঃ শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি।
তস্য তস্যাচলাং শ্রদ্ধাং তামেব বিদধাম্যহম্॥
– গীতা, ৭/২১
“And whoso shall receive one such little child in my name receiveth me.”—Matthew XVIII-5
গোপালের মার ঠাকুরকে প্রথম দর্শন
গোপালের মা ঠাকুরকে প্রথম কবে দেখতে আসেন, তা ঠিক বলতে পারি না—তবে ১৮৮৫ খ্রিস্টাব্দের চৈত্র বা বৈশাখ মাসে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যখন আমরা তাঁকে প্রথম দেখি, তখন তিনি প্রায় ছয় মাস ধরে ঠাকুরের কাছে যাতায়াত করছেন ও তাঁর সঙ্গে শ্রীভগবানের বালগোপাল-ভাবে অপূর্ব লীলাও চলছে। আমাদের বেশ মনে আছে—সেদিন গোপালের মা শ্রীশ্রীঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের উত্তর-পশ্চিম কোণে যে গঙ্গাজলের জালা ছিল, তারই কাছে দক্ষিণ-পূর্বমুখী হয়ে অর্থাৎ ঠাকুরের দিকে মুখ করে বসেছিলেন; বয়স প্রায় ষাট বছর হলেও তা বোঝা কঠিন, কারণ বৃদ্ধার মুখে বালিকার আনন্দ! আমাদের পরিচয় পেয়ে বললেন, “তুমি গি-র ছেলে? তুমি তো আমাদের গো। ওমা, গি-র ছেলে আবার ভক্ত হয়েছে! গোপাল এবার আর কাউকে বাকি রাখবে না; এক এক করে সব্বাইকে টেনে নেবে! তা বেশ, পূর্বে তোমার সঙ্গে মায়িক সম্বন্ধ ছিল, এখন আবার তার চেয়ে অধিক নিকট সম্বন্ধ হলো” ইত্যাদি—সে আজ চব্বিশ বছরের কথা।
১৮৮৪ খ্রিস্টাব্দের অগ্রহায়ণ; আকাশ যতটা পরিষ্কার ও উজ্জ্বল হতে পারে, ততটাই। এ বছর আবার কার্তিকের গোড়া থেকেই শীতের একটু আমেজ দেয়—আমাদের মনে আছে। এই নাতিশীতোষ্ণ হেমন্তেই বোধ হয় গোপালের মা শ্রীশ্রীরামকৃষ্ণদেবের প্রথম দর্শন লাভ করেন। পটলডাঙ্গার ৺গোবিন্দচন্দ্র দত্তের কামারহাটিতে গঙ্গাতীরে যে ঠাকুরবাড়ি ও বাগান আছে, সেখান থেকে নৌকায় করে তাঁরা ঠাকুরকে দেখতে আসেন। ‘তাঁরা’ বলছি—কারণ গোপালের মা সেদিন একা আসেননি; সেই বাগানের মালিকের বিধবা পত্নী, কামিনী নামে তাঁর এক দূরসম্পর্কের আত্মীয়কে নিয়ে, গোপালের মার সঙ্গে এসেছিলেন। শ্রীশ্রীরামকৃষ্ণদেবের নাম তখন কলিকাতায় অনেকের কাছেই পরিচিত। এঁরাও এই অলৌকিক ভক্ত-সাধুর কথা শোনার পর থেকে তাঁকে দর্শন করার জন্য লালায়িত ছিলেন। কার্তিক মাসে শ্রীবিগ্রহের নিয়ম-সেবা করতে হয়, সেজন্য গোবিন্দবাবুর পত্নী বা গিন্নিঠাকুরানী প্রতি বছর ওই সময়ে কামারহাটির বাগানে বাস করে স্বয়ং সেই সেবার তত্ত্বাবধান করতেন। কামারহাটি থেকে দক্ষিণেশ্বর আবার মাত্র দুই বা তিন মাইল হবে—অতএব আসার বেশ সুবিধা। কামারহাটির গিন্নি এবং গোপালের মাও সেই সুযোগে রানী রাসমণির কালীবাড়িতে এসে উপস্থিত হন।
ঠাকুর সেদিন এঁদের সাদরে নিজের ঘরে বসিয়ে ভক্তিতত্ত্বের অনেক উপদেশ দেন ও ভজন গেয়ে শোনান এবং আবার আসতে বলে বিদায় দেন। চলে আসার সময় গিন্নি শ্রীশ্রীরামকৃষ্ণদেবকে নিজের কামারহাটির ঠাকুরবাড়িতে পদধূলি দেওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। ঠাকুরও সুবিধামতো একদিন যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। সত্যিই ঠাকুর সেদিন গিন্নির ও গোপালের মার অনেক প্রশংসা করেছিলেন। বলেছিলেন, “আহা, চোখমুখের কী ভাব—ভক্তি-প্রেমে যেন ভাসচে—প্রেমময় চক্ষু! নাকের তিলকটি পর্যন্ত সুন্দর।” অর্থাৎ তাঁদের চাল-চলন, বেশভূষা ইত্যাদিতে ভিতরের ভক্তিভাবই যেন ফুটে বেরোচ্ছে, অথচ লোকদেখানো কিছুই নেই।
পটলডাঙ্গার ৺গোবিন্দচন্দ্র দত্ত
পটলডাঙ্গার ৺গোবিন্দচন্দ্র দত্ত কলিকাতার কোনো এক বিখ্যাত সওদাগরি আপিসে মুৎসুদ্দি ছিলেন। সেখানে কার্যদক্ষতা ও উদ্যমশীলতায় অনেক সম্পত্তির অধিকারী হন। কিন্তু কিছুকাল পরে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে অকর্মণ্য হয়ে পড়েন। তাঁর একমাত্র পুত্র এর আগেই মারা গিয়েছিল। থাকার মধ্যে ছিল দুই মেয়ে—ভূত ও নারাণ[2] এবং তাদের সন্তানসন্ততি। এদিকে বিষয় নিতান্ত অল্প নয়—কাজেই শেষ জীবনে গোবিন্দবাবুর ধর্মালোচনা ও পুণ্যকর্মেই দিন কাটত। বাড়িতে রামায়ণ-মহাভারতাদি কথা দেওয়া, কামারহাটির বাগানে শ্রীশ্রীরাধাকৃষ্ণবিগ্রহ সমারোহে স্থাপন করা, ভাগবতাদি শাস্ত্রের পারায়ণ, সস্ত্রীক তুলাদণ্ডের অনুষ্ঠান করে ব্রাহ্মণ দরিদ্র প্রভৃতিকে দান ইত্যাদি অনেক সৎকার্য তিনি করে যান। বিশেষত আবার কামারহাটির বাগানে শ্রীবিগ্রহের পূজা উপলক্ষে তখন বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকত এবং অতিথি-অভ্যাগত, দীন-দরিদ্র সকলকেই শ্রীশ্রীরাধাকৃষ্ণজীউর প্রসাদ অকাতরে বিতরণ করা হত।
তাঁর ভক্তিমতী পত্নী
গোবিন্দবাবুর মৃত্যুর পরে তাঁর সতী-সাধ্বী পত্নীও শ্রীবিগ্রহের সেবা তেমনই সমারোহে অনেক দিন ধরে চালিয়ে আসছিলেন! পরে নানা কারণে বিষয়ের অধিকাংশ নষ্ট হল। তাই শ্রীবিগ্রহের সেবায় যাতে ত্রুটি না হয়, সেদিকে লক্ষ রাখার জন্যই গোবিন্দবাবুর গৃহিণী তখন স্বয়ং সেখানে থেকে তার তত্ত্বাবধান করতেন। গিন্নি সেকেলে মেয়ে, জীবনে শোকতাপও ঢের পেয়েছেন, কাজেই—ধর্মানুষ্ঠানেই শান্তি, এ কথা হাড়ে হাড়ে বুঝেছিলেন। কিন্তু তবু পোড়া মায়া কি সহজে ছাড়ে—মেয়ে, জামাই, সমাজ, মান, সম্ভ্রম ইত্যাদিও দেখে চলতে হত। স্বামীর মৃত্যুর দিন থেকে নিজে কিন্তু কঠোর নিয়ম, উপবাস, শ্রীবিগ্রহের সেবা, জপ, ধ্যান, দান ইত্যাদি নিয়েই থাকতেন।
তাঁর পুরোহিত-বংশ। বালবিধবা অঘোরমণি
কামারহাটির ঠাকুরবাড়ির খুব কাছেই গোবিন্দবাবুর পুরোহিতবংশের বাস। পুরোহিত নীলমাধব বন্দ্যোপাধ্যায় মহাশয়ও একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। ‘গোপালের মাতা’ এঁরই ভগিনী—পূর্ব নাম অঘোরমণি দেবী—বালিকা বয়সে বিধবা হওয়ায় পিত্রালয়েই চিরকাল বাস। গিন্নি বা গোবিন্দবাবুর পত্নীর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা হওয়ার পর থেকে অঘোরমণির ঠাকুরবাড়িতে ঠাকুরসেবাতেই দিন কাটতে থাকে। ক্রমে অনুরাগের আধিক্যে গঙ্গাতীরে ঠাকুরবাড়িতেই বাস করার ইচ্ছা প্রবল হওয়ায় তিনি গিন্নির অনুমতি নিয়ে মেয়েমহলের একটি ঘরে এসে একেবারে বসবাস শুরু করলেন; পিত্রালয়ে দিনের মধ্যে দুই-একবার গিয়ে দেখাসাক্ষাৎ করে আসতেন মাত্র।
গিন্নির যেমন কঠোর ব্রহ্মচর্য ও তপানুষ্ঠানে অনুরাগ, অঘোরমণিরও তেমনই; সেজন্য দুজনের মধ্যে মানসিক চিন্তা ও ভাবের অনেক বিষয়ে সাদৃশ্য ছিল। বাইরে কিন্তু বিষয়ের অধিকারিণী গিন্নিকে সামাজিক মান-সম্ভ্রম ইত্যাদি দেখে চলতে হত, অঘোরমণির কিছুই না থাকায় সেসব কিছুই দেখতে হত না। আবার নিজের পেটের একটাও না থাকায় জঞ্জালও কিছুই ছিল না। থাকার মধ্যে বোধ হয় অলংকার প্রভৃতি স্ত্রীধন বিক্রি করে পাওয়া পাঁচ-সাতশো টাকা; তাও কোম্পানির কাগজ করে গিন্নির কাছে গচ্ছিত ছিল। সেই টাকার সুদ নিয়ে এবং সময়ে সময়ে বিশেষ অভাবগ্রস্ত হলে মূলধনে যতদূর সম্ভব অল্পস্বল্প হাত দিয়েই অঘোরমণি দিন কাটাতেন। অবশ্য গিন্নিও সব বিষয়ে তাঁকে ও তাঁর ভাইয়ের পরিবারের লোকজনকে সাহায্য করতেন।
অঘোরমণির আচারনিষ্ঠা
অঘোরমণি কড়ে রাঁড়ী—স্বামীর সুখ জীবনে কোনো দিনই জানেননি। মেয়েরা বলে “ওরা সব যত্নী রাঁড়ী, নুনটুকু পর্যন্ত ধুয়ে খায়”—অঘোরমণিও বড় হওয়ার পর থেকে তাই। বেজায় আচার-বিচার! আমরা জানি, একদিন তিনি রান্না করে বোক্নো থেকে ভাত তুলে পরমহংসদেবের পাতে পরিবেশন করছেন, এমন সময় শ্রীরামকৃষ্ণদেব কোনোভাবে ভাতের কাঠিটি ছুঁয়ে ফেলেন। অঘোরমণির সে ভাত আর খাওয়া হল না এবং ভাতের কাঠিটিও তিনি গঙ্গাগর্ভে ফেলে দিলেন! তিনি যখন প্রথম প্রথম ঠাকুরের কাছে আসছেন, এ সেই সময়ের কথা।
দক্ষিণেশ্বরে নহবতের ঘরে দুই-তিনটি উনুন পাতা ছিল। শ্রীশ্রীকালীমাতার ভোগরাগ সাঙ্গ হতে অনেক দেরি হত, কখনও কখনও আড়াই প্রহর বেলা হয়ে যেত। পরমহংসদেবের শরীর অসুস্থ থাকলে—আর তাঁর তো পেটের অসুখ-বিসুখ রোজই লেগে থাকত—পরমারাধ্যা মাতাঠাকুরানী সেই উনুনে সকাল সকাল দুটি ঝোলভাত তাঁকে রেঁধে দিতেন। যে ভক্তেরা ঠাকুরের কাছে মধ্যে মধ্যে রাত কাটাতেন, তাঁদের জন্য ডালরুটি ওই উনুনে তৈরি হত। আবার কলিকাতা প্রভৃতি জায়গা থেকে অনেক ভদ্রমহিলা ঠাকুরের দর্শনে এসে মাতাঠাকুরানীর সঙ্গে ওই নহবতখানায় সমস্ত দিন থাকতেন এবং কখনও কখনও সেখানে রাতও কাটাতেন—তাঁদের খাবারদাবারও শ্রীশ্রীমা সেই উনুনেই রান্না করতেন। অঘোরমণি—অথবা ঠাকুর প্রথম প্রথম তাঁকে যা বলতেন, ‘কামারহাটির বামুনঠাকরুন বা বামনী’—যেদিন ঠাকুরকে দর্শন করতে আসতেন, সেদিন ঠাকুরের ঝোল-ভাত রাঁধার পর শ্রীশ্রীমাকে গোবর, গঙ্গাজল প্রভৃতি দিয়ে তিনবার উনুন পেড়ে দিতে হত, তবেই তাতে ব্রাহ্মণীর বোক্নো চাপত! এতটাই বিচার ছিল।
গোবিন্দবাবুর ঠাকুরবাড়িতে বাস ও তপস্যা
‘কামারহাটির ব্রাহ্মণী’ আবার ছেলেবেলা থেকে বড় অভিমানিনী। কারও কথা এতটুকু সহ্য করতে পারতেন না—অর্থসাহায্যের জন্য হাত পাতা তো দূরের কথা। তার উপর আবার অন্যায় দেখলেই লোকের মুখের উপর বলে দিতে কিছুমাত্র চক্ষুলজ্জা ছিল না—কাজেই খুব অল্প লোকের সঙ্গে তাঁর বনিবনাও হত। গিন্নি যে ঘরখানিতে তাঁকে থাকতে দিয়েছিলেন, সেটি একেবারে বাগানের দক্ষিণপ্রান্তে। ঘরের দক্ষিণের তিনটি জানালা দিয়ে সুন্দর গঙ্গাদর্শন হত এবং উত্তরে ও পশ্চিমে দুটি দরজা ছিল। ব্রাহ্মণী সেই ঘরে বসে গঙ্গাদর্শন করতেন ও দিনরাত জপ করতেন। এভাবে সেই ঘরে সুখে-দুঃখে ব্রাহ্মণীর ত্রিশ বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পর তবে তিনি শ্রীশ্রীরামকৃষ্ণদেবের প্রথম দর্শন লাভ করেন।
ব্রাহ্মণীর পিতৃকুল বোধ হয় শাক্ত ছিল—শ্বশুরকুল কী ছিল বলতে পারি না—কিন্তু তাঁর নিজের বরাবর বৈষ্ণবপদানুগা ভক্তি ছিল এবং গুরুর কাছ থেকে তিনি গোপালমন্ত্র গ্রহণ করেছিলেন। গিন্নির সঙ্গে ঘনিষ্ঠতাও বোধ হয় এ ব্যাপারে তাঁর সহায়ক হয়েছিল। কারণ, মালপাড়ার গোস্বামিবংশীয়েরাই গোবিন্দবাবুর গুরুবংশ এবং ওঁদের দুই-একজন কামারহাটির ঠাকুরবাড়ি হওয়ার পর থেকে প্রায়ই সেখানে থাকতেন। কিন্তু মায়িক সম্বন্ধে সন্তান-বাৎসল্যের আস্বাদ এ জন্মে কিছুমাত্র না পেয়েও কেমন করে যে অঘোরমণির বাৎসল্যরতিতে এত নিষ্ঠা হয় এবং শ্রীভগবানকে পুত্রস্থানীয় করে গোপালভাবে ভজনা করতে ইচ্ছা হয়, তার মীমাংসা করা কঠিন। অনেকেই বলবেন পূর্বজন্ম ও সংস্কার—যা-ই হোক, ঘটনা কিন্তু সত্য।
প্রাচ্য ও পাশ্চাত্যের স্ত্রীলোকদের ধর্মনিষ্ঠার বিভিন্নভাবে প্রকাশ
বিলাত আমেরিকায় সংসারে দুঃখ-কষ্ট পেয়ে বা অন্য কোনো কারণে স্ত্রীলোকদের ভিতর ধর্মনিষ্ঠা এলেই তা দান, পরোপকার এবং দরিদ্র ও রোগীর সেবা—এই সব কাজের ভিতর দিয়ে প্রকাশ পায়। দিনরাত সৎকর্ম করা—এটাই তাদের লক্ষ্য হয়। আমাদের দেশে এর ঠিক বিপরীত। কঠোর ব্রহ্মচর্য, তপশ্চরণ, আচার এবং জপাদির ভিতর দিয়েই সেই ধর্মনিষ্ঠা প্রকাশ পেতে আরম্ভ করে। দিন দিন সংসার-ত্যাগ এবং অন্তর্মুখীনতার দিকে অগ্রসর হওয়াই তাদের লক্ষ্য হয়ে ওঠে। বিশেষত এ জীবনে শ্রীভগবানের দর্শনলাভ করা জীবের সাধ্য এবং তাতে যথার্থ শান্তি—এ কথা এ দেশের জলবায়ুতে রয়েছে, স্ত্রী-পুরুষের অস্থিমজ্জায় পর্যন্ত প্রবিষ্ট হয়ে আছে। কাজেই ‘কামারহাটির ব্রাহ্মণী’র একান্ত বাস ও তপশ্চরণ অন্য দেশের আশ্চর্যের বিষয় হলেও এ দেশে সহজ ভাব।
অঘোরমণির ঠাকুরকে দ্বিতীয়বার দর্শন
প্রথম দর্শনের দিন থেকেই কামারহাটির ব্রাহ্মণী শ্রীশ্রীরামকৃষ্ণদেবের দিকে বিশেষভাবে আকৃষ্ট হন—কেন, কী কারণে এবং তা কতদূর গড়াবে, সে কথা অবশ্য কিছুই অনুভব করতেও পারেননি; কিন্তু ‘ইনি বেশ লোক, যথার্থ সাধু-ভক্ত এবং এঁর কাছে আবার সময় পেলেই আসব’—এমনভাবে কেমন একটা অব্যক্ত টানের উদয় হয়েছিল। গিন্নিও তেমনই অনুভব করেছিলেন, কিন্তু পাছে সমাজে নিন্দা করে এই ভয়ে আর এসেছিলেন কি না সন্দেহ। তার উপর মেয়ে-জামাইদের জন্য তাঁকে আবার অনেক দিন পটলডাঙ্গার বাড়িতেও কাটাতে হত। সেখান থেকে দক্ষিণেশ্বর অনেক দূর এবং আসতে হলে সকলকে জানিয়ে সাজ-সরঞ্জাম করে আসতে হয়—কাজেই আর বড় একটা আসা হত না।
ব্রাহ্মণীর ও-সব ঝঞ্ঝাট তো নেই—কাজেই প্রথম দর্শনের অল্পদিন পরে জপ করতে করতে ঠাকুরের কাছে আসার ইচ্ছা হওয়ামাত্র দুই-তিন পয়সার দেদো সন্দেশ কিনে নিয়ে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত। ঠাকুর তাঁকে দেখেই বলে উঠলেন, “এসেছ, আমার জন্য কী এনেছ দাও।” গোপালের মা বলেন, “আমি তো একেবারে ভেবে অজ্ঞান, কেমন করে সে ‘রোঘো’ (খারাপ) সন্দেশ বার করি—এঁকে কত লোকে কত কী ভাল ভাল জিনিস এনে খাওয়াচ্চে—আবার তাই ছাই কি আমি আসবামাত্র খেতে চাওয়া!” ভয়ে লজ্জায় কিছু বলতে না পেরে সেই সন্দেশগুলি বের করে দিলেন। ঠাকুরও সেগুলি মহা আনন্দে খেতে খেতে বলতে লাগলেন, “তুমি পয়সা খরচ করে সন্দেশ আন কেন? নারকেল-নাড়ু করে রাখবে, তাই দুটো একটা আসবার সময় আনবে। না হয়, যা তুমি নিজের হাতে রাঁধবে, লাউশাক-চচ্চড়ি, আলু বেগুন বড়ি দিয়ে সজনে-খাড়ার তরকারি—তাই নিয়ে আসবে। তোমার হাতের রান্না খেতে বড় সাধ হয়।” গোপালের মা বলেন, “ধর্মকর্মের কথা দূরে গেল, এইরূপে কেবল খাবার কথাই হতে লাগল; আমি ভাবতে লাগলুম, ভাল সাধু দেখতে এসেছি—কেবল খাইখাই; কেবল খাইখাই; আমি গরিব কাঙাল লোক—কোথায় এত খাওয়াতে পাব? দূর হোক, আর আসব না। কিন্তু যাবার সময় দক্ষিণেশ্বরের বাগানের চৌকাঠ যেমন পেরিয়েচি, অমনি যেন পেছন থেকে তিনি টানতে লাগলেন। কোন মতে এগুতে আর পারি না। কত করে মনকে বুঝিয়ে টেনে হিঁচড়ে তবে কামারহাটি ফিরি।” এর কয়েকদিন পরেই আবার ‘কামারহাটির ব্রাহ্মণী’ চচ্চড়ি হাতে করে তিন মাইল হেঁটে পরমহংসদেবের দর্শনে উপস্থিত! ব্রাহ্মণী আসামাত্র ঠাকুরও আগের মতো তা চেয়ে খেয়ে “আহা কী রান্না, যেন সুধা, সুধা” বলে আনন্দ করতে লাগলেন। সে আনন্দ দেখে গোপালের মার চোখে জল এল। ভাবলেন—তিনি গরিব কাঙাল বলে তাঁর এই সামান্য জিনিসের ঠাকুর এত বড়াই করছেন।
এভাবে দু-চার মাস ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত চলতে লাগল। ব্রাহ্মণী যেদিন যা রাঁধেন, ভালো লাগলেই পরের বার ঠাকুরকে দেখতে আসার সময় তা কামারহাটি থেকে নিয়ে আসেন। ঠাকুরও তা কত আনন্দ করে খান, আবার কখনও বা সামান্য কোনো জিনিস, যেমন সুষনি শাক সস্সড়ি, কলমি শাক চচ্চড়ি ইত্যাদি আনার জন্য অনুরোধ করেন। কেবল ‘এটা এনো, ওটা এনো’ আর ‘খাইখাই’র জ্বালায় বিরক্ত হয়ে গোপালের মা কখনও কখনও ভাবেন, “গোপাল, তোমাকে ডেকে এই হলো? এমন সাধুর কাছে নিয়ে এলে যে, কেবল খেতে চায়! আর আসব না।” কিন্তু সে কী এক বিষম টান! দূরে গেলেই আবার কবে যাব, কতক্ষণে যাব, এই মনে হয়।
গোবিন্দবাবুর বাগানে ঠাকুরের আগমন
ইতিমধ্যে শ্রীশ্রীরামকৃষ্ণদেবও একবার কামারহাটিতে গোবিন্দবাবুর বাগানে যান এবং সেখানে শ্রীবিগ্রহের সেবাদি দর্শন করে বিশেষ আনন্দ প্রকাশ করেন। সেবার তিনি সেখানে শ্রীবিগ্রহের সামনে কীর্তনাদি করে প্রসাদ পাওয়ার পর আবার দক্ষিণেশ্বরে ফিরেছিলেন। কীর্তনের সময় তাঁর অদ্ভুত ভাবাবেশ দেখে গিন্নি ও সকলে বিশেষ মুগ্ধ হন। তবে গোস্বামিপাদদের মনে পাছে প্রভুত্ব হারাতে হয় এই ভয়ে একটু ঈর্ষা-বিদ্বেষ এসেছিল কি না বলা সুকঠিন। শুনতে পাই তেমনই হয়েছিল।
অলৌকিক বালগোপাল-মূর্তি-দর্শনে অঘোরমণির অবস্থা
‘কামারহাটির ব্রাহ্মণী’র বহুকালের অভ্যাস—রাত ২টায় উঠে শৌচাদি সেরে ৩টা থেকে জপে বসা। তারপর বেলা আটটা-নয়টার সময় জপ সাঙ্গ করে উঠে স্নান, শ্রীশ্রীরাধাকৃষ্ণজীর দর্শন এবং সেবার কাজে যথাসাধ্য যোগ দেওয়া। পরে শ্রীবিগ্রহের ভোগরাগাদি হয়ে গেলে দুই-প্রহরের সময় নিজের জন্য রান্নাবান্নায় ব্যস্ত হওয়া। পরে খেয়ে উঠে একটু বিশ্রাম করেই আবার জপে বসা এবং সন্ধ্যায় আরতি দর্শন করার পর আবার অনেক রাত পর্যন্ত জপে কাটানো। পরে একটু দুধ খেয়ে কয়েক ঘণ্টা বিশ্রাম! তাঁর ধাত স্বভাবতই বায়ুপ্রধান ছিল—ঘুম খুব অল্পই হত। কখনও কখনও বুক ধড়ফড় ও প্রাণ কেমন কেমন করত। ঠাকুর শুনে বলেন, “ও তোমার হরিবাই—ওটা গেলে কী নিয়ে থাকবে? যখন ওরূপ হবে তখন কিছু খেও।”
১৮৮৪ খ্রিস্টাব্দ—শীত ঋতু চলে গিয়ে কুসুমাকর সরস বসন্ত এসে উপস্থিত। পত্র-পুষ্প-গীতিপূর্ণ বসুন্ধরা এক অপূর্ব উন্মত্ততায় জাগরিত। এই উন্মত্ততার ইতরবিশেষ নেই—আছে কিন্তু জীবের প্রবৃত্তির। যার যেমন সু বা কু প্রবৃত্তি ও সংস্কার, তার কাছে তা সেইভাবে প্রকাশিত। সাধু সদ্বিষয়ে নব-জাগরণে জাগরিত, অসাধু অন্যভাবে—এটাই প্রভেদ।
এই সময়ে ‘কামারহাটির ব্রাহ্মণী’ একদিন রাত তিনটের সময় জপে বসেছেন। জপ সাঙ্গ হলে ইষ্টদেবতাকে জপ সমর্পণ করার আগে প্রাণায়াম করতে আরম্ভ করেছেন, এমন সময় দেখেন শ্রীশ্রীরামকৃষ্ণদেব তাঁর বাঁ পাশে বসে রয়েছেন এবং ঠাকুরের ডান হাতটি যেন মুঠো করা! দক্ষিণেশ্বরে ঠাকুরকে যেমন দর্শন করেন, এখনও ঠিক তেমনই স্পষ্ট জীবন্ত! ভাবলেন, “এ কী? এমন সময়ে ইনি কোথা থেকে কেমন করে হেথায় এলেন?” গোপালের মা বলেন, “আমি অবাক হয়ে তাঁকে দেখছি, আর ঐ কথা ভাবছি—এদিকে গোপাল (শ্রীশ্রীরামকৃষ্ণদেবকে তিনি ‘গোপাল’ বলতেন) বসে মুচকে মুচকে হাসছে! তারপর সাহসে ভর করে বাঁ হাত দিয়ে যেমন গোপালের (শ্রীশ্রীরামকৃষ্ণদেবের) বাঁ হাতখানি ধরেছি, অমনি সে মূর্তি কোথায় গেল, আর তার ভিতর থেকে দশমাসের সত্যকার গোপাল, (হাত দিয়ে দেখিয়ে) এত বড় ছেলে, বেরিয়ে হামা দিয়ে এক হাত তুলে আমার মুখ-পানে চেয়ে (সে কী রূপ, আর কী চাউনি!) বললে, ‘মা, ননী দাও’! আমি তো দেখে শুনে একেবারে অজ্ঞান, সে এক চমৎকার কারখানা। চিৎকার করে কেঁদে উঠলুম—সে তো এমন চিৎকার নয়, বাড়িতে জনমানব নেই তাই, নইলে লোক জড় হতো। কেঁদে বললুম, ‘বাবা, আমি দুঃখিনী কাঙালিনী, আমি তোমায় কী খাওয়াব, ননী ক্ষীর কোথা পাব, বাবা!’ কিন্তু সে অদ্ভুত গোপাল কি তা শোনে—কেবল ‘খেতে দাও’ বলে। কী করি, কাঁদতে কাঁদতে উঠে সিকে থেকে শুকনো নারকেল-লাড়ু পেড়ে হাতে দিলুম ও বললুম, ‘বাবা, গোপাল, আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলুম বলে আমাকে যেন ঐরূপ খেতে দিও না।'”
সেই অবস্থায় দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আগমন
“তারপর জপ সেদিন আর কে করে? গোপাল এসে কোলে বসে, মালা কেড়ে নেয়, কাঁধে চড়ে, ঘরময় ঘুরে বেড়ায়! যেমন সকাল হলো অমনি পাগলিনীর মতো ছুটে দক্ষিণেশ্বরে গিয়ে পড়লুম। গোপালও কোলে উঠে চলল—কাঁধে মাথা রেখে! এক হাত গোপালের পাছায় ও এক হাত পিঠে দিয়ে বুকে ধরে সমস্ত পথ চললুম। স্পষ্ট দেখতে লাগলুম গোপালের লাল টুকটুকে পা দুখানি আমার বুকের উপর ঝুলচে!”
অঘোরমণি যেদিন এভাবে সহসা নিজের উপাস্য দেবতার দর্শনলাভ করে ভাবে প্রেমে উন্মত্ত হয়ে কামারহাটির বাগান থেকে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে ভোরে এসে উপস্থিত হন, সেদিন সেখানে আমাদের পরিচিত অন্য একটি স্ত্রী-ভক্তও ছিলেন। তাঁর কাছ থেকে আমরা যা শুনেছি, তা-ই এখন আমরা পাঠককে বলব। তিনি বলেন:
“আমি তখন ঠাকুরের ঘরটি ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করচি—বেলা সাতটা কি সাড়ে সাতটা হবে। এমন সময় শুনতে পেলুম বাহিরে কে ‘গোপাল’, ‘গোপাল’ বলে ডাকতে ডাকতে ঠাকুরের ঘরের দিকে আসচে। গলার আওয়াজটা পরিচিত—ক্রমেই নিকট হতে লাগল। চেয়ে দেখি গোপালের মা! —এলোথেলো পাগলের মতো, দুই চক্ষু যেন কপালে উঠেছে, আঁচলটা ভূঁয়ে লুটুচ্চে, কিছুতেই যেন ভ্রূক্ষেপ নাই! —এমনিভাবে ঠাকুরের ঘরে পূর্ব দিককার দরজাটি দিয়ে ঢুকচে। ঠাকুর তখন ঘরের ভিতর ছোট তক্তাপোশখানির উপর বসেছিলেন।
“গোপালের মাকে ঐরূপ দেখে আমি তো একেবারে হাঁ হয়ে গেছি—এমন সময় তাঁকে দেখে ঠাকুরেরও ভাব হয়ে গেল। ইতোমধ্যে গোপালের মা এসে ঠাকুরের কাছে বসে পড়ল এবং ঠাকুরও ছেলের মতো তার কোলে গিয়ে বসলেন! গোপালের মার দুই চক্ষে তখন দরদর করে জল পড়চে; আর যে ক্ষীর সর ননী এনেছিল তাই ঠাকুরের মুখে তুলে খাইয়ে দিচ্চে। আমি তো দেখে অবাক আড়ষ্ট হয়ে গেলুম, কারণ এর পূর্বে কখনও তো ঠাকুরকে ভাব হয়ে কোন স্ত্রীলোককে স্পর্শ করতে দেখিনি; শুনেছিলাম বটে ঠাকুরের গুরু বামনীর কখনও কখনও যশোদার ভাব হতো আর ঠাকুরও তখন গোপালভাবে তার কোলে উঠে বসতেন। যা হোক, গোপালের মার ঐ অবস্থা আর ঠাকুরের ভাব দেখে আমি তো একেবারে আড়ষ্ট! কতকক্ষণ পরে ঠাকুরের সে ভাব থামল এবং তিনি আপনার চৌকিতে উঠে বসলেন। গোপালের মার কিন্তু সে ভাব আর থামে না! আনন্দে আটখানা হয়ে দাঁড়িয়ে উঠে ‘ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে’ ইত্যাদি পাগলের মতো বলে আর ঘরময় নেচে নেচে বেড়ায়! ঠাকুর তাই দেখে হেসে আমাকে বললেন—‘দেখ, দেখ, আনন্দে ভরে গেছে। ওর মনটা এখন গোপাল-লোকে চলে গেছে!’ বাস্তবিকই ভাবে গোপালের মার ঐরূপ দর্শন হতো; ও যেন আর এক মানুষ হয়ে যেত! আর একদিন খাবার সময় ভাবে প্রেমে গদগদ হয়ে আমাদের সকলকে গোপাল বলে নিজের হাতে ভাত খাইয়ে দিয়েছিল। আমি আমাদের সমান ঘরে মেয়ের বিয়ে দি নাই বলে আমায় মনে মনে একটু ঘেন্না করত—সেদিন তার জন্যেই বা গোপালের মার কত অনুনয়-বিনয়! বললে, ‘আমি কি আগে জানি যে তোর ভেতর এতখানি ভক্তি-বিশ্বাস! যে গোপাল ভাবের সময় প্রায় কাউকে ছুঁতে পারে না, সে কি না আজ ভাবাবেশে তোর পিঠের উপর গিয়ে বসল! তুই কি সামান্যি’!” বাস্তবিকই সেদিন ঠাকুর গোপালের মাকে দেখে সহসা গোপালভাবাবিষ্ট হয়ে প্রথমে এই স্ত্রী-ভক্তটির পিঠে এবং পরে গোপালের মার কোলে কিছুক্ষণের জন্য বসেছিলেন।
অঘোরমণি এভাবে দক্ষিণেশ্বরে এসে ভাবের আধিক্যে অশ্রুজল ফেলতে ফেলতে শ্রীরামকৃষ্ণদেবকে সেদিন কত কী কথাই না বললেন! “এই যে গোপাল আমার কোলে”, “ঐ তোমার (শ্রীশ্রীরামকৃষ্ণদেবের) ভেতরে ঢুকে গেল”, “ঐ আবার বেরিয়ে এল”, “আয় বাবা, দুঃখিনী মার কাছে আয়”—ইত্যাদি বলতে বলতে দেখলেন, চপল গোপাল কখনও বা ঠাকুরের অঙ্গে মিশে গেল, আবার কখনও বা উজ্জ্বল বালক-মূর্তিতে অঘোরমণির কাছে এসে অদৃষ্টপূর্ব বাল্যলীলা-তরঙ্গ-তুফান তুলে তাঁকে বাহ্যজগতের কঠোর শাসন, নিয়ম প্রভৃতি সমস্ত ভুলিয়ে দিয়ে একেবারে আত্মহারা করে ফেলল! সে প্রবল ভাবতরঙ্গে পড়ে কে-ই বা নিজেকে সামলাতে পারে!
ঠাকুর সেই অবস্থা দুর্লভ বলে প্রশংসা করলেন এবং তাঁকে শান্ত করলেন
সেদিন থেকে অঘোরমণি বাস্তবিকই ‘গোপালের মা’ হলেন এবং ঠাকুরও তাঁকে সেই নামে ডাকতে লাগলেন। শ্রীশ্রীরামকৃষ্ণদেব গোপালের মার এমন অপরূপ অবস্থা দেখে কত আনন্দ প্রকাশ করলেন, শান্ত করার জন্য তাঁর বুকে হাত বুলিয়ে দিলেন এবং ঘরে যত কিছু ভালো ভালো খাবার ছিল, সে সব এনে তাঁকে খাওয়ালেন। খেতে খেতেও ভাবের ঘোরে ব্রাহ্মণী বলতে লাগল, “বাবা গোপাল, তোমার দুঃখিনী মা এজন্মে বড় কষ্টে কাল কাটিয়েচে, টেকো ঘুরিয়ে সুতো কেটে পৈতে করে বেচে দিন কাটিয়েচে, তাই বুঝি এত যত্ন আজ করচো!” ইত্যাদি।
সমস্ত দিন কাছে রেখে, স্নান করিয়ে খাইয়ে, খানিকটা শান্ত করে সন্ধ্যার কিছু আগে শ্রীরামকৃষ্ণদেব গোপালের মাকে কামারহাটি পাঠিয়ে দিলেন। ফেরার সময় ভাবদৃষ্ট বালক গোপালও আগের মতো ব্রাহ্মণীর কোলে চেপে চলল। ঘরে ফিরে গোপালের মা আগের অভ্যাসমতো জপ করতে বসলেন, কিন্তু সেদিন আর কি জপ করা যায়? যাঁর জন্য জপ, যাঁকে এতকাল ধরে ভাবা—সে যে সামনে নানা রঙ্গ, নানা আবদার করছে! ব্রাহ্মণী শেষে উঠে গোপালকে কাছে নিয়ে তক্তাপোশের উপর বিছানায় শুয়ে পড়ল! ব্রাহ্মণীর যাতে-তাতে শোয়া—মাথায় দেবার একটা বালিশও ছিল না। এখন শুয়েও নিষ্কৃতি নেই—গোপাল শুধু-মাথায় শুয়ে খুঁতখুঁত করে! অগত্যা ব্রাহ্মণী নিজের বাঁ হাতের উপর গোপালের মাথা রেখে তাকে কোলের গোড়ায় শুইয়ে কত কী বলে ভোলাতে লাগল—“বাবা, আজ এইরকমে শো; রাত পোয়ালেই কাল কলকেতা গিয়ে ভূতোকে (গিন্নীর বড় মেয়ে) বলে তোমায় বিচি ঝেড়ে বেছে নরম বালিশ করিয়ে দেব”, ইত্যাদি।
আগেই বলেছি, গোপালের মা নিজের হাতে রান্না করে গোপালকে উদ্দেশে খাইয়ে পরে নিজে খেতেন। সেই ঘটনার পরদিন সাক্ষাৎ গোপালকে সকাল সকাল রান্না করে খাওয়াবেন বলে বাগান থেকে শুকনো কাঠ কুড়োতে গেলেন। দেখেন, গোপালও সঙ্গে সঙ্গে এসে কাঠ কুড়োচ্ছে ও রান্নাঘরে এনে জমা করে রাখছে! এভাবে মায়ে-পোয়ে কাঠকুড়ানো হল—তারপর রান্না। রান্নার সময়ও দুরন্ত গোপাল কখনও কাছে বসে, কখনও পিঠের উপর পড়ে সব দেখতে লাগল, কত কী বলতে লাগল, কত কী আবদার করতে লাগল! ব্রাহ্মণীও কখনও মিষ্টি কথায় তাকে ঠান্ডা করতে লাগলেন, কখনও বকতে লাগলেন।
ঠাকুর গোপালের মাকে বললেন—‘তোমার সব হয়েছে’
এই ঘটনার কিছুদিন পর গোপালের মা একদিন দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুরের সঙ্গে দেখা করে নহবতে—যেখানে শ্রীশ্রীমাতাঠাকুরানী থাকতেন—গিয়ে জপ করতে বসলেন। নিয়মিত জপ সাঙ্গ করে প্রণাম করে উঠছেন, এমন সময় দেখলেন, ঠাকুর পঞ্চবটী থেকে সেখানে এসে উপস্থিত হয়েছেন। ঠাকুর গোপালের মাকে দেখতে পেয়ে বললেন, “তুমি এখনও অত জপ কর কেন? তোমার তো খুব হয়েছে (দর্শনাদি)!”
গোপালের মা—জপ করব না? আমার কি সব হয়েছে?
ঠাকুর— সব হয়েছে।
গোপালের মা—সব হয়েছে?
ঠাকুর— হাঁ, সব হয়েছে।
গোপালের মা—বল কী, সব হয়েছে?
ঠাকুর— হাঁ, তোমার আপনার জন্য জপ তপ সব করা হয়ে গেছে, তবে (নিজের শরীর দেখিয়ে) এই শরীরটা ভাল থাকবে বলে ইচ্ছা হয় তো করতে পার।
গোপালের মা—তবে এখন থেকে যা কিছু করব সব তোমার, তোমার, তোমার।
এই ঘটনার উল্লেখ করে গোপালের মা কখনও কখনও আমাদের বলতেন, “গোপালের মুখে ঐ কথা সেদিন শুনে থলি মালা সব গঙ্গায় ফেলে দিয়েছিলুম। গোপালের কল্যাণের জন্য করেই জপ করতুম। তারপর অনেক দিন বাদে আবার একটা মালা নিলুম। ভাবলুম—একটা কিছু তো করতে হবে? চব্বিশ ঘণ্টা করি কী? তাই গোপালের কল্যাণে মালা ফেরাই!”
তখন থেকে গোপালের মা-র জপ-তপ সব শেষ হল। দক্ষিণেশ্বরে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের কাছে ঘন ঘন আসা-যাওয়া বেড়ে গেল। আগে খাওয়া-দাওয়ায় তাঁর যে এত আচার-নিষ্ঠা ছিল, সেসবও এই মহাভাবতরঙ্গে পড়ে দিন দিন কোথায় ভেসে যেতে লাগল। গোপাল তাঁর মন-প্রাণ একেবারে অধিকার করে বসে কতভাবে তাঁকে যে শিক্ষা দিতে লাগলেন, তার ইয়ত্তা নেই। আর নিষ্ঠাই বা রাখেন কী করে? —গোপাল যে যখন-তখন খেতে চায়, আবার নিজে খেতে খেতে মার মুখে গুঁজে দেয়! তা কি ফেলে দেওয়া যায়? আর ফেলে দিলে সে যে কাঁদে! ব্রাহ্মণী এই অপূর্ব ভাবতরঙ্গে পড়ার পর থেকেই বুঝেছিলেন যে, এসব শ্রীশ্রীরামকৃষ্ণদেবেরই খেলা এবং শ্রীশ্রীরামকৃষ্ণদেবই তাঁর ‘নবীন-নীরদশ্যাম, নীলেন্দীবরলোচন’ গোপালরূপী শ্রীকৃষ্ণ! কাজেই তাঁকে রেঁধে খাওয়ানো, তাঁর প্রসাদ খাওয়া ইত্যাদিতে আর দ্বিধা রইল না।
এভাবে অনবরত দুই মাস ধরে কামারহাটির ব্রাহ্মণী গোপালরূপী শ্রীকৃষ্ণকে দিনরাত বুকে-পিঠে করে একসঙ্গে বাস করেছিলেন! ভাবরাজ্যে এত দীর্ঘকাল বাস করে ‘চিন্ময় নাম, চিন্ময় ধাম, চিন্ময় শ্যাম’-এর প্রত্যক্ষ উপলব্ধি ও দর্শন মহাভাগ্যবানের পক্ষেই সম্ভব। একে তো শ্রীভগবানে বাৎসল্যরতিই জগতে দুর্লভ—শ্রীভগবানের ঐশ্বর্যজ্ঞানের লেশমাত্র মনে থাকলে এ রতির উদয় অসম্ভব—তার উপর সেই রতি ঐকান্তিক নিষ্ঠার সাহায্যে ঘনীভূত হয়ে শ্রীভগবানের এমন দর্শনলাভ হওয়া যে আরও কত দুর্লভ, তা সহজেই অনুমান করা যায়। প্রবাদ আছে, ‘কলৌ জাগর্তি গোপালঃ’, ‘কলৌ জাগর্তি কালিকা’—তাই বোধ হয় আজও শ্রীভগবানের এই দুই ভাবের এমন জ্বলন্ত উপলব্ধি কখনও কখনও দৃষ্টিগোচর হয়।
শ্রীশ্রীরামকৃষ্ণদেব গোপালের মাকে বলেছিলেন, “তোমার খুব হয়েছে। কলিতে এরূপ অবস্থা বরাবর থাকলে, শরীর থাকে না।” বোধ হয় ঠাকুরের ইচ্ছাই ছিল, বাৎসল্যরতির উজ্জ্বল দৃষ্টান্তস্বরূপ এই দরিদ্র ব্রাহ্মণীর ভাবপূত শরীর লোকহিতের জন্য আরও কিছুদিন এ সংসারে থাকে। সেই দুই মাসের পর গোপালের মার দর্শনাদি আগের চেয়ে অনেকটা কমে গেল। তবে একটু স্থির হয়ে বসে গোপালের চিন্তা করলেই আগের মতো দর্শন পেতেন।
[1] দিব্য-ভাবমুখে অবস্থিত ঠাকুরকে বিশিষ্ট সাধক-ভক্তদের সঙ্গে কেমন লীলা করতে দেখেছি, তারই অন্যতম দৃষ্টান্তস্বরূপ আমরা শ্রীরামকৃষ্ণ-ভক্ত গোপালের মা-র অদ্ভুত দর্শনাদির কথা পাঠককে এখানে উপহার দিচ্ছি। যাঁরা মনে করবেন আমরা তা অতিরঞ্জিত করেছি, তাঁদের কাছে আমাদের বক্তব্য এই যে, আমরা তাতে মুন্সিয়ানা কিছুমাত্র ফলাইনি – এমনকি ভাষাতে পর্যন্ত নয়। ঠাকুরের স্ত্রী-ভক্তদের কাছ থেকে যেমন সংগ্রহ করেছি, প্রায় তেমনই তুলে ধরেছি। আবার তা সংগ্রহও করেছি এমন সব লোকের কাছ থেকে, যাঁরা সব বিষয়ে সম্পূর্ণ যথাযথভাবে বলার প্রয়াস পান, না পারলে অনুতপ্ত হন এবং ‘কামারহাটির বামনীর’ স্তাবক হওয়া তো দূরের কথা, কখনও কখনও তাঁর কোনো কোনো আচরণের তীব্র সমালোচনাও আমাদের কাছে করেছেন।
[2] যজ্ঞেশ্বরী ও নারায়ণী।
অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে।
তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্॥
– শ্রীমদ্ভগবদ্গীতা, ৯।২২
বলরাম বসুর বাড়িতে পুনর্যাত্রা উপলক্ষ্যে উৎসব
‘কামারহাটির ব্রাহ্মণী’র গোপালরূপী শ্রীভগবানের দর্শনের কিছুকাল পরে রথের সময় ঠাকুর কলিকাতায় শুভাগমন করেছেন—বাগবাজারের বলরাম বসুর বাড়িতে ভক্তদের ভিড় লেগেছে—বলরামবাবুও আনন্দে আটখানা হয়ে সকলকে সমুচিত আদর-অভ্যর্থনা করছেন। বসুজ মহাশয় পুরুষানুক্রমে বনিয়াদি ভক্ত—এক পুরুষে নয়। ঠাকুরের কৃপাও তাঁর ও তাঁর পরিবারের সকলের উপর অসীম।
শ্রীচৈতন্যদেবের সংকীর্তন দেখতে ঠাকুরের সাধ ও সেই দর্শন। বলরাম বসুকে তার ভিতর দর্শন করা
ঠাকুরের শ্রীমুখ থেকে শোনা—এক সময়ে তাঁর সাধ হয়, শ্রীশ্রীচৈতন্যদেব সংকীর্তন করতে করতে নগর প্রদক্ষিণ করছেন, তা দেখবেন; তখন ভাবাবস্থায় সেই দর্শন হয়। সে এক অদ্ভুত ব্যাপার—অসীম জনতা, হরিনামে উদ্দাম উন্মত্ততা! আর সেই উন্মাদ-তরঙ্গের ভিতর উন্মাদ শ্রীগৌরাঙ্গের উন্মাদনী আকর্ষণ! সেই অপার জনসংঘ ধীরে ধীরে দক্ষিণেশ্বরের বাগানের পঞ্চবটীর দিক থেকে ঠাকুরের ঘরের সামনে দিয়ে এগিয়ে চলে যেতে লাগল। ঠাকুর বলতেন—সেই জনতারই ভিতর যে কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিতে চির-অঙ্কিত ছিল, বলরামবাবুর ভক্তি-জ্যোতিঃপূর্ণ স্নিগ্ধোজ্জ্বল মুখখানি তাদের অন্যতম। বলরামবাবু যেদিন প্রথম ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসেন, সেদিন ঠাকুর তাঁকে দেখামাত্র চিনতে পেরেছিলেন—এ ব্যক্তিই সেই লোক।
বলরামের নানা জায়গায় ঠাকুর-সেবার ও শুদ্ধ অন্নের কথা
বসুজ মহাশয়ের কোঠারে (উড়িষ্যার অন্তর্গত) জমিদারি ও শ্যামচাঁদবিগ্রহের সেবা আছে, শ্রীবৃন্দাবনে কুঞ্জ ও শ্যামসুন্দরের সেবা আছে এবং কলিকাতার বাড়িতেও ৺জগন্নাথদেবের বিগ্রহ[1] ও সেবাদি আছে। ঠাকুর বলতেন, “বলরামের শুদ্ধ অন্ন—ওদের পুরুষানুক্রমে ঠাকুর-সেবা ও অতিথি-ফকিরের সেবা—ওর বাপ সব ত্যাগ করে শ্রীবৃন্দাবনে বসে হরিনাম কচ্চে—ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই যেন আপনা হতে নেমে যায়।” সত্যিই ঠাকুরের এত ভক্তের ভিতর বলরামবাবুর অন্নই (ভাত) তাঁকে বিশেষ প্রীতির সঙ্গে খেতে দেখেছি। কলিকাতায় ঠাকুর যেদিন সকালে আসতেন, সেদিন দুপুরের খাওয়া বলরামের বাড়িতেই হত! ব্রাহ্মণ ভক্তদের বাড়ি ছাড়া আর কারও বাড়িতে কোনোদিন অন্নগ্রহণ করেছেন কি না সন্দেহ—তবে অবশ্য নারায়ণ বা বিগ্রহাদির প্রসাদ হলে অন্য কথা।
ঠাকুরের চারজন রসদ্দার ও বলরামবাবুর সেবাধিকার
অলোকসামান্য মহাপুরুষদের অতি সামান্য নিত্যনৈমিত্তিক কাজকর্মেও কেমন একটু অলৌকিকত্ব, নতুনত্ব থাকে। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গ যাঁরা একদিনও করেছেন, তাঁরাই এ কথার মর্ম বিশেষভাবে বুঝবেন। ঠাকুর যে বলরামবাবুর অন্ন খেতে পারতেন, সে বিষয়েও একটু তলিয়ে দেখলেই এ কথাই উপলব্ধি হবে। সাধনকালে ঠাকুর এক সময় জগদম্বার কাছে প্রার্থনা করে বলেন, “মা, আমাকে শুকনো সাধু করিসনি—রসে বশে রাখিস”; জগদম্বাও তাঁকে দেখিয়ে দেন, তাঁর রসদ (খাদ্যাদি) জোগাবার জন্য চারজন রসদ্দার পাঠানো হয়েছে। ঠাকুর বলতেন—সেই চারজনের ভিতর রানী রাসমণির জামাতা মথুরানাথ প্রথম ও শম্ভু মল্লিক দ্বিতীয় ছিলেন। সিমলার সুরেন্দ্রনাথ মিত্রকে (যাকে ঠাকুর কখনও ‘সুরেন্দর’ ও কখনও ‘সুরেশ’ বলে ডাকতেন) বলতেন ‘অর্ধেক রসদ্দার’, অর্থাৎ সুরেন্দ্র পুরো একজন রসদ্দার নয়; মথুরানাথের ও শম্ভুবাবুর সেবা চোখে দেখা আমাদের ভাগ্যে হয়নি—কারণ, আমরা তাঁদের পরলোকপ্রাপ্তির অনেক পরে ঠাকুরের কাছে এসেছিলাম। তবে ঠাকুরের মুখে শুনেছি, সে এক অদ্ভুত ব্যাপার ছিল। বলরামবাবুকে ঠাকুর তাঁর রসদ্দারদের অন্যতম বলে কখনও উল্লেখ করেছেন, এ কথা মনে হয় না; কিন্তু তাঁর যেরকম সেবাধিকার দেখেছি, তা আমাদের কাছে অদ্ভুত বলে বোধ হয় এবং তা মথুরবাবু ছাড়া অন্য রসদ্দারদের সেবাধিকারের চেয়ে কোনো অংশে ন্যূন নয়। সেসব কথা অন্য কোনো সময়ে বলার চেষ্টা করব। এখন এইটুকুই বলি যে, বলরামবাবু যেদিন প্রথম দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, সেদিন থেকে ঠাকুরের নিজের যা কিছু আহার্যের প্রয়োজন হত, তাঁর অদর্শনের দিন পর্যন্ত প্রায় সে সমস্তই জোগাতেন—চাল, মিছরি, সুজি, সাগু, বার্লি, ভার্মিসেলি, টেপিওকা ইত্যাদি; এবং ঠাকুরের সেবাদির জন্য যেসব ভক্ত দক্ষিণেশ্বরে তাঁর কাছে রাত কাটাতেন, সুরেন্দ্র বা ‘সুরেশ মিত্তির’ সেখানে ঠাকুরকে দর্শন করার অল্পকাল পর থেকেই তাঁদের জন্য লেপ, বালিশ ও ডাল-রুটির বন্দোবস্ত করে দিয়েছিলেন।
কী গূঢ় সম্বন্ধে যে এই সব ব্যক্তি ঠাকুরের সঙ্গে সম্বদ্ধ ছিলেন, তা কে বলতে পারে? কোন কারণে এঁরা এই উচ্চাধিকার পেয়েছিলেন, তা-ই বা কে বলবে? আমরা এ পর্যন্তই বুঝেছি যে, এঁরা মহাভাগ্যবান—জগদম্বার চিহ্নিত ব্যক্তি! নইলে লোকোত্তরপুরুষ রামকৃষ্ণদেবের বর্তমান লীলায় এঁরা এভাবে বিশেষ সহায়ক হয়ে জন্মাধিকার লাভ করতেন না! নইলে শ্রীরামকৃষ্ণদেবের শুদ্ধ-বুদ্ধ-মুক্ত মনে এঁদের মুখের ছবি এমনভাবে অঙ্কিত থাকত না যে, দেখামাত্রই তিনি তা বুঝতে পেরে বলেছিলেন, “এরা এখানকার, এই বিশেষ অধিকার নিয়ে এসেছে!”
ঠাকুর ‘আমি’ ‘আমার’ শব্দের পরিবর্তে সর্বদা ‘এখানে’ ‘এখানকার’ বলতেন। তার কারণ
‘এরা আমার’ না বলে ঠাকুর ‘এখানকার’ বলতেন, কারণ শ্রীরামকৃষ্ণদেবের অপাপবিদ্ধ মনে অহং-বুদ্ধি এতটুকুও স্থান পেত না। তাই ‘আমি’, ‘আমার’ এই কথাগুলি প্রয়োগ করা তাঁর পক্ষে বড়ই কঠিন ছিল! কঠিন ছিলই বা বলি কেন? তিনি এই দুটি শব্দ আদৌ বলতে পারতেন না। যখন নিতান্তই বলতে হত, তখন ‘শ্রীশ্রীজগদম্বার দাস বা সন্তান আমি’—এই অর্থে বলতেন, এবং তাও আগে থেকে সেই ভাব ঠিক ঠিক মনে এলে তবেই বলা চলত; সেজন্য কথোপকথনের সময় কোথাও ‘আমার’ বলতে হলে ঠাকুর নিজের শরীর দেখিয়ে ‘এখানকার’ এই কথাটি প্রায়ই বলতেন—ভক্তেরাও তা থেকে বুঝে নিতেন; যেমন, ‘এখানকার লোক’, ‘এখানকার ভাব নয়’ ইত্যাদি বললেই আমরা বুঝতাম, তিনি ‘তাঁর লোক নয়’, ‘তাঁর ভাব নয়’ বলছেন।
রসদ্দারেরা কে কীভাবে কতদিন ঠাকুরের সেবা করে
যাক এখন সে কথা—এখন আমরা রসদ্দারদের কথাই বলি—প্রথম রসদ্দার মথুরানাথ শ্রীরামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরে প্রথম শুভাগমন থেকে সাধনাবস্থা শেষ হওয়ার কিছুকাল পর পর্যন্ত চোদ্দো বছর তাঁর সেবায় নিযুক্ত ছিলেন। দ্বিতীয় দেড়জনের ভিতর শম্ভুবাবু মথুরবাবুর শরীরত্যাগের কিছু পর থেকে কেশববাবু প্রমুখ কলিকাতার ভক্তেরা ঠাকুরের কাছে যাওয়ার কিছু আগে পর্যন্ত বেঁচে থেকে ঠাকুরের সেবা করেছিলেন, এবং অর্ধ-রসদ্দার সুরেশবাবু শ্রীরামকৃষ্ণদেবের অদর্শনের ছয়-সাত বছর আগে থেকে চার-পাঁচ বছর পর পর্যন্ত জীবিত থেকে তাঁর ও তাঁর সন্ন্যাসী ভক্তদের সেবা ও তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। বরাহনগর মঠ—যা আজ বেলুড় মঠে পরিণত হয়েছে—১৮৮৬ খ্রিস্টাব্দের আশ্বিন মাসে বরাহনগরে মুন্সীবাবুদের পুরোনো ভগ্ন জীর্ণ বাড়িতে এই সুরেশবাবুর আগ্রহে এবং খরচেই প্রতিষ্ঠিত হয়। হিসেবে বাকি আর দেড়জন রসদ্দার—কোথায় তাঁরা? আমাদের এই প্রসঙ্গের বলরামবাবু ও যে আমেরিকা-নিবাসিনী মহিলা (মিসেস্ সারা সি বুল) শ্রীবিবেকানন্দ স্বামীজীকে বেলুড় মঠ স্থাপনে বিশেষ সহায়তা করেন—তাঁরাই কি সেই দেড়জন? শ্রীরামকৃষ্ণদেব ও বিবেকানন্দ স্বামীজীর অদর্শনে এ কথা এখন আর কে মীমাংসা করবে?
‘বলরামের পরিবার সব এক সুরে বাঁধা’
বলরামবাবু দক্ষিণেশ্বরে যাওয়ার পর থেকে প্রতি বছর রথের সময় ঠাকুরকে বাড়িতে নিয়ে আসতেন। বাগবাজার রামকান্ত বসু স্ট্রীটে তাঁর বাড়ি, অথবা বলা ভালো, তাঁর ভাই কটকের প্রসিদ্ধ উকিল রায় হরিবল্লভ বসু বাহাদুরের বাড়ি। বলরামবাবু তাঁর ভাইয়ের বাড়িতেই থাকতেন—বাড়ির নম্বর ৫৭। এই ৫৭নং রামকান্ত বসু স্ট্রীটের বাড়িতে ঠাকুরের যে কতবার শুভাগমন হয়েছে, তা বলা যায় না। কত লোকই যে এখানে ঠাকুরকে দর্শন করে ধন্য হয়েছে, তার ইয়ত্তা কে করবে? দক্ষিণেশ্বর কালীবাড়িকে ঠাকুর কখনও কখনও রসিকতা করে ‘মা কালীর কেল্লা’ বলতেন, কলিকাতার বসুপাড়ার এই বাড়িকে তাঁর দ্বিতীয় কেল্লা বললে অত্যুক্তি হবে না। ঠাকুর বলতেন, “বলরামের পরিবার সব এক সুরে বাঁধা”—কর্তা গিন্নি থেকে বাড়ির ছোট ছোট ছেলে-মেয়েগুলি পর্যন্ত সকলেই ঠাকুরের ভক্ত; ভগবানের নাম না করে জলগ্রহণ করে না এবং পূজা, পাঠ, সাধুসেবা, সদ্বিষয়ে দান প্রভৃতিতে সকলেরই সমান অনুরাগ। অনেক পরিবারেই প্রায় দেখা যায়, যদি একজন কি দুজন ধার্মিক, তো বাকি সকলে অন্যরকম, বিজাতীয়; এ পরিবারে কিন্তু সেটা নেই। সকলেই একজাতীয় লোক! পৃথিবীতে নিঃস্বার্থ ধর্মানুরাগী পরিবার বোধ হয় অল্পই পাওয়া যায়—তার উপর আবার পরিবারের সকলের এমন একই বিষয়ে অনুরাগ থাকা এবং পরস্পর পরস্পরকে সে বিষয়ে সাহায্য করা, এটা কদাচ কখনও দেখা যায়। কাজেই এই পরিবারই যে ঠাকুরের দ্বিতীয় কেল্লাস্বরূপ হবে এবং এখানে এসে যে ঠাকুর বিশেষ আনন্দ পাবেন, এতে বিচিত্র কিছু নেই।
বলরামের বাড়িতে রথোৎসব আড়ম্বরশূন্য ভক্তির ব্যাপার
আগেই বলেছি, এই বাড়িতে শ্রীশ্রীজগন্নাথদেবের সেবা ছিল, কাজেই রথের সময় রথটানাও হত; কিন্তু সবই ভক্তির ব্যাপার, বাইরের আড়ম্বর কিছুই নেই। বাড়ি সাজানো, বাদ্যভাণ্ড, বাজে লোকের হুড়োহুড়ি, গোলমাল, দৌড়াদৌড়ি—এ সবের কিছুই নেই। ছোট একখানি রথ, বাইরের মহলের দোতলার চকমিলান বারান্দায় চারদিকে ঘুরে ঘুরে টানা হত—একদল কীর্তনীয়া আসত, তারা সঙ্গে সঙ্গে কীর্তন করত, আর ঠাকুর ও তাঁর ভক্তেরা সেই কীর্তনে যোগ দিতেন। কিন্তু সে আনন্দ, সে ভগবদ্ভক্তির ছড়াছড়ি, সে মাতোয়ারা ভাব, ঠাকুরের সে মধুর নৃত্য—সে আর অন্যত্র কোথায় পাওয়া যাবে? সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে প্রসন্ন হয়ে সাক্ষাৎ ৺জগন্নাথদেব রথের বিগ্রহে এবং শ্রীরামকৃষ্ণশরীরে আবির্ভূত—সে অপূর্ব দর্শন আর কোথায় মিলবে? সেই বিশুদ্ধ প্রেমস্রোতে পড়লে পাষণ্ডের হৃদয়ও দ্রবীভূত হয়ে নয়নাশ্রুরূপে বেরিয়ে আসত—ভক্তের আর কী কথা! এভাবে কয়েক ঘণ্টা কীর্তনের পরে শ্রীশ্রীজগন্নাথদেবের ভোগ দেওয়া হত এবং ঠাকুরের সেবা হলে ভক্তেরা সকলে প্রসাদ পেতেন। তারপর অনেক রাতে এই আনন্দের হাট ভাঙত এবং দু-চার জন ছাড়া ভক্তেরা যে যাঁর বাড়িতে চলে যেতেন। লেখকের এই আনন্দ-উপভোগ জীবনে একবারমাত্রই হয়েছিল—সেই বারেই গোপালের মাকে এই বাড়িতে ঠাকুরের কথায় আনতে পাঠানো হয়। ১৮৮৫ খ্রিস্টাব্দের উলটো রথের কথাই আমরা এখানে বলছি। সে বছর ঠাকুর ওই দিন এখানে এসে বলরামবাবুর বাড়িতে দুই দিন দুই রাত কাটিয়ে তৃতীয় দিনে বেলা আটটা-নটার সময় নৌকা করে দক্ষিণেশ্বরে ফিরে যান।
স্ত্রী-ভক্তদের সঙ্গে ঠাকুরের অপূর্ব সম্বন্ধ
আজ ঠাকুর সকালেই এ বাড়িতে এসেছেন। বাইরে কিছুক্ষণ বসার পর তাঁকে অন্দরে জলযোগ করার জন্য নিয়ে যাওয়া হল। বাইরে দু-চারজন করে অনেকগুলি পুরুষ-ভক্তের সমাগম হয়েছে, ভিতরেও নিকটবর্তী বাড়িগুলি থেকে ঠাকুরের যত স্ত্রী-ভক্ত সকলে এসেছেন। এঁদের অনেকেই বলরামবাবুর আত্মীয় বা পরিচিত, এবং তাঁর বাড়িতে যখনই পরমহংসদেব আসতেন, বা তিনি নিজে যখনই শ্রীরামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরে দর্শন করতে যেতেন, তখনই এঁদের খবর দিয়ে বাড়িতে আনাতেন, বা আনিয়ে সঙ্গে নিয়ে যেতেন। ভাবিনী ঠাকরুন, অসীমের মা, গনুর মা ও তাঁর মা—এইরকম এর মা, ওর পিসি, এর ননদ, ওর পড়শি প্রভৃতি অনেকগুলি ভক্তিমতী স্ত্রীলোকের আজ সমাগম হয়েছে।
এই সব সতী সাধ্বী ভক্তিমতী স্ত্রীলোকের সঙ্গে কামগন্ধহীন ঠাকুরের যে কী এক মধুর সম্বন্ধ ছিল, তা বলে বোঝাবার নয়। এঁদের অনেকেই ঠাকুরকে সাক্ষাৎ ইষ্টদেবতা বলে তখনই জানতেন। সকলেরই ঠাকুরের উপর এই বিশ্বাস ছিল। আবার কোনো কোনো ভাগ্যবতী গোপালের মার মতো দর্শনাদির মধ্য দিয়ে তা সাক্ষাৎ প্রত্যক্ষ করেছিলেন। কাজেই ঠাকুরকে এঁরা আপনার চেয়েও আপন বলে জানতেন এবং তাঁর কাছে কোনো ভয়-ডর বা সংকোচ অনুভব করতেন না। ঘরে কোনো ভালো খাবারদাবার তৈরি করলে এঁরা তা আগে স্বামী-পুত্রদের না দিয়ে ঠাকুরের জন্য পাঠাতেন, বা নিজেরাই নিয়ে যেতেন। ঠাকুর থাকতে এই সব ভদ্রমহিলা কতদিন যে পায়ে হেঁটে দক্ষিণেশ্বর থেকে কলিকাতায় নিজেদের বাড়িতে যাতায়াত করেছেন, তা বলা যায় না। কোনোদিন সন্ধ্যার পর, কোনোদিন রাত দশটায়, আবার কোনোদিন বা উৎসব-কীর্তনাদি সাঙ্গ হতে ও দক্ষিণেশ্বর থেকে ফিরতে রাত দুই প্রহরেরও বেশি হয়ে গেছে! এঁদের কাউকে ঠাকুর ছেলেমানুষের মতো কত আগ্রহ নিয়ে নিজের পেটের অসুখ প্রভৃতি রোগের ওষুধ জিজ্ঞাসা করতেন; কেউ তাঁকে এভাবে জিজ্ঞাসা করতে দেখে হাসলে বলতেন, “তুই কী জানিস? ও কত বড় ডাক্তারের স্ত্রী—ও দু-চারটে ঔষধ জানেই জানে।” কারও ভাবপ্রেম দেখে বলতেন, “কৃপাসিদ্ধ গোপী”। কারও মধুর রান্না খেয়ে বলতেন, “ও বৈকুণ্ঠের রাঁধুনী, সুক্তোয় সিদ্ধহস্ত” ইত্যাদি।
ঠাকুরের স্ত্রী-ভক্তদের কাছে গোপালের মার দর্শনের কথা বলা ও তাঁকে আনতে পাঠানো
ঠাকুর জল খেতে খেতে আজ এই সব স্ত্রীলোককে ‘গোপালের মা’র সৌভাগ্যের কথা বলতে লাগলেন। বললেন, “ওগো, সেই যে কামারহাটি থেকে বামনের মেয়েটি আসে, যার গোপালভাব—তার সব কত কী দর্শন হয়েছে; সে বলে, গোপাল তার কাছ থেকে হাত পেতে খেতে চায়। সেদিন ঐসব কত কী দেখে শুনে ভাবে প্রেমে উন্মাদ হয়ে উপস্থিত। খাওয়াতে-দাওয়াতে একটু ঠাণ্ডা হলো! থাকতে বললুম, কিন্তু থাকল না। যাবার সময়ও সেইরূপ উন্মাদ—গায়ের কাপড় খুলে ভূঁয়ে লুটিয়ে যাচ্চে, হুঁশ নেই। আমি আবার কাপড় তুলে দিয়ে বুকে মাথায় হাত বুলিয়ে দি! খুব ভক্তি-বিশ্বাস—বেশ! তাকে এখানে আনতে পাঠাও না।”
বলরামবাবুর কানে এ কথা ওঠামাত্র তিনি তৎক্ষণাৎ কামারহাটি থেকে ‘গোপালের মা’কে আনতে লোক পাঠালেন—কারণ, আসার সময় যথেষ্ট আছে; ঠাকুর আজ আর কাল তো এখানেই থাকবেন।
বিকেলে ঠাকুরের সহসা গোপাল-ভাবাবেশ ও পরক্ষণেই গোপালের মার আগমন
জলযোগ সাঙ্গ হলে ঠাকুর বাইরে এসে বসলেন ও ভক্তদের সঙ্গে নানা কথাবার্তা বলতে লাগলেন।
ক্রমে ঠাকুরের দুপুরের খাওয়া হয়ে গেল—ভক্তেরাও সকলে প্রসাদ পেলেন। একটু বিশ্রামের পর ঠাকুর বাইরে হলঘরে বসে ভক্তদের সঙ্গে নানা কথা বলতে লাগলেন। প্রায় সন্ধ্যা হয় হয়, এমন সময় তাঁর ভাবাবেশ হল। আমরা সকলেই বালগোপালের ধাতুময়ী মূর্তি দেখেছি—দুই জানু ও এক হাত মাটিতে হামা দেওয়ার ভঙ্গিতে রেখে ও এক হাত তুলে ঊর্ধ্বমুখে যেন কারও মুখপানে সাহ্লাদ-সতৃষ্ণ-নয়নে চেয়ে রয়েছে ও কিছু চাইছে! ভাবাবেশে ঠাকুরের অঙ্গ-প্রত্যঙ্গাদির ঠিক সেইরকম সংস্থান হয়ে গেল, কেবল চোখ দুটি যেন বাইরের কিছুই দেখছে না, এমনভাবে অর্ধনিমীলিত অবস্থায় রইল; ঠাকুরের এই ভাবাবস্থা শুরু হওয়ার একটু পরেই গোপালের মারও গাড়ি এসে বলরামবাবুর বাড়ির দরজায় দাঁড়াল। আর গোপালের মাও উপরে এসে ঠাকুরকে নিজের ইষ্টরূপে দর্শন করলেন! গোপালের মার ভক্তির জোরেই ঠাকুরের সহসা এমন গোপাল-ভাবাবেশ হয়েছে জেনে উপস্থিত সকলে তাঁকে বহু ভাগ্যবতী মনে করে সম্মান ও বন্দনা করলেন। সকলে বলতে লাগলেন, ‘কী ভক্তি, ভক্তির জোরে ঠাকুর সাক্ষাৎ গোপাল-রূপ ধারণ করলেন’, ইত্যাদি। গোপালের মা বললেন, “আমি কিন্তু বাবু ভাবে অমন কাঠ হয়ে যাওয়া ভালবাসি না। আমার গোপাল হাসবে খেলবে বেড়াবে দৌড়ুবে—ও মা, ও কী! একেবারে যেন কাঠ! আমার অমন গোপাল দেখে কাজ নেই!” বাস্তবিকই, ভাবসমাধিতে ঠাকুরকে ওইরকম বাহ্যজ্ঞান হারাতে গোপালের মা প্রথম যেদিন দেখেন, সেদিন ভয়ে ডরে কাতর হয়ে ঠাকুরের শ্রীঅঙ্গ ঠেলতে ঠেলতে বলেছিলেন, “ও বাবা, তুমি অমন হলে কেন?” —সে কামারহাটিতে ঠাকুর যেদিন প্রথম গিয়েছিলেন।
ঠাকুর ভাবাবেশে যখন যা করতেন, তা-ই সুন্দর দেখাত। তার কারণ
আমরা যখন ঠাকুরের কাছে যাই, ঠাকুরের বয়স তখন ঊনপঞ্চাশের কাছাকাছি—বোধ হয় ঊনপঞ্চাশ হতে পাঁচ-ছয় মাস বাকি আছে; গোপালের মাও সেই সময়েই যান। ঠাকুরের কাছে যাওয়ার আগে মনে হত, ছোট ছেলে নাচে, অঙ্গভঙ্গি করে, তা লোকের বেশ লাগে, কিন্তু একটা বুড়ো মিন্সে, সাজোয়ান মরদ যদি অমন করে, তাহলে লোকের কাছে বিরক্তিকর বা হাস্যোদ্দীপকই হয়। ‘গণ্ডারের খেমটি নাচ কি কারো ভাল লাগে?’ —স্বামী বিবেকানন্দ বলতেন। কিন্তু ঠাকুরের কাছে এসে দেখি সব উলটো ব্যাপার। বয়সে প্রৌঢ় হলেও ঠাকুর নাচেন, গান করেন, কত হাবভাব দেখান—কিন্তু তাঁর সবগুলিই কী মিষ্ট! বাস্তবিক ‘একটা বুড়ো মিনসেকে নাচলে যে এত ভালো দেখায়, এ কথা আমরা কখনও স্বপ্নেও ভাবিনি!’ —গিরিশবাবু এ কথাটি বলতেন। আজ বলরামবাবুর বাড়িতে এই যে তাঁর গোপাল-ভাবাবেশে অঙ্গ-প্রত্যঙ্গের সংস্থান বালগোপালের মতো হল, তা-ই বা কত সুন্দর! কেন যে এমন সুন্দর বোধ হত, তা তখন বুঝতাম না—কেবল সুন্দর, এটাই অনুভব করতাম। এখন বুঝি যে, তাঁর ভিতরে যখন যে ভাব আসত, তখন তা পুরোপুরিই আসত, তাঁর ভিতর এতটুকু আর অন্য ভাব থাকত না—এতটুকু ‘ভাবের ঘরে চুরি’ বা লোক-দেখানো ভাব থাকত না। সে ভাবে তিনি তখন একেবারে অনুপ্রাণিত, তন্ময় বা (তিনি নিজে যেমন রসিকতা করে বলতেন) ডাইলুট (dilute) হয়ে যেতেন; কাজেই তখন তিনি বৃদ্ধ হয়ে বালকের অভিনয় করছেন বা পুরুষ হয়ে স্ত্রীর অভিনয় করছেন—এ কথা লোকের মনে আর উঠতেই পেত না! ভিতরের প্রবল ভাবতরঙ্গ শরীরের মধ্য দিয়ে ফুটে বেরিয়ে শরীরটাকে যেন একেবারে পরিবর্তিত বা রূপান্তরিত করে ফেলত!
পুনর্যাত্রা-শেষে ঠাকুরের দক্ষিণেশ্বরে আগমন
ভক্তসঙ্গে আনন্দে ঠাকুরের দুই দিন দুই রাত বলরামবাবুর বাড়িতে কেটেছে। আজ তৃতীয় দিন, দক্ষিণেশ্বরে ফিরবেন। বেলা আন্দাজ ৮টা কি ৯টা হবে—ঘাটে নৌকা প্রস্তুত। ঠিক হল, গোপালের মা ও আর একজন স্ত্রী-ভক্তও (গোলাপ-মাতা) সেই নৌকায় ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে যাবেন; তা ছাড়া দুই-একজন বালক-ভক্ত, যাঁরা ঠাকুরের পরিচর্যার জন্য সঙ্গে এসেছিলেন, তাঁরাও যাবেন। বোধ হয় শ্রীযুত কালী (স্বামী অভেদানন্দ) ওঁদের অন্যতম।
বাড়ির ভিতরে গিয়ে ঠাকুর জগন্নাথদেবকে প্রণাম করলেন এবং ভক্ত-পরিবারের প্রণাম গ্রহণ করে নৌকায় গিয়ে উঠলেন। গোপালের মা প্রভৃতিও তাঁর পিছন পিছন গিয়ে নৌকায় উঠলেন। বলরামবাবুর পরিবারের অনেকে ভক্তি করে গোপালের মাকে কাপড় ইত্যাদি, এবং তাঁর অভাব আছে জেনে রান্নার জন্য হাতা, বেড়ি প্রভৃতি অনেকগুলি জিনিস তাঁকে দিয়েছিলেন। সেই পুঁটুলি বা মোটটি নৌকায় তুলে দেওয়া হল। নৌকা ছাড়ল।
নৌকায় যাওয়ার সময় গোপালের মা-র পুঁটুলি দেখে ঠাকুরের বিরক্তি। ভক্তদের প্রতি ঠাকুরের যেমন ভালোবাসা, তেমনি কঠোর শাসনও ছিল
যেতে যেতে পুঁটুলি দেখে ঠাকুর জিজ্ঞাসা করে জানলেন—সেটি গোপালের মার; ভক্ত-পরিবারের সকলে তাঁকে যেসব জিনিসপত্র দিয়েছেন, তারই পুঁটুলি। শুনেই ঠাকুরের মুখ গম্ভীর হয়ে গেল। গোপালের মাকে কিছু না বলে আর একজন স্ত্রী-ভক্ত গোলাপ-মাতাকে উদ্দেশ করে ত্যাগের বিষয়ে নানা কথা বলতে লাগলেন। বললেন, “যে ত্যাগী সে-ই ভগবানকে পায়। যে লোকের বাড়িতে গিয়ে খেয়েদেয়ে শুধুহাতে চলে আসে, সে ভগবানের গায়ে ঠেস দিয়ে বসে।” —ইত্যাদি। সেদিন যেতে যেতে ঠাকুর গোপালের মার সঙ্গে একটিও কথা বললেন না, আর বারবার সেই পুঁটুলিটির দিকে তাকাতে লাগলেন। ঠাকুরের এই ভাব দেখে গোপালের মার মনে হতে লাগল, পুঁটুলিটা গঙ্গার জলে ফেলে দিই। একদিকে ঠাকুরের যেমন পাঁচ বছরের বালকের ভাবে ভক্তদের সঙ্গে হাসি তামাসা ঠাট্টা খেলাধুলা ছিল, অন্য দিকে আবার তেমনি কঠোর শাসন। কারও এতটুকুও বেচাল সইতে পারতেন না। তিনি ক্ষুদ্রের চেয়েও ক্ষুদ্র জিনিসের তত্ত্বাবধান করতেন; কারও অতি সামান্য আচরণ বে-ভাবের হলে অমনি তাঁর তীক্ষ্ণ দৃষ্টি তার উপর পড়ত, এবং যাতে তার সংশোধন হয়, সেই চেষ্টা শুরু হত। চেষ্টারও বড় একটা বেশি আড়ম্বর করতে হত না, একবার মুখ ভার করে তার সঙ্গে কিছুক্ষণ কথা না বললেই সে ছটফট করত ও নিজের দোষের জন্য অনুতপ্ত হত। এতেও যে নিজের ভুল শোধরাত না, ঠাকুরের শ্রীমুখের দুই-একটি সামান্য তিরস্কারই তার মতি স্থির করতে যথেষ্ট হত! অদ্ভুত ঠাকুরের প্রত্যেক ভক্তের সঙ্গে অদৃষ্টপূর্ব ব্যবহার ও শিক্ষাদান এভাবেই চলত—প্রথমে অমানুষী ভালোবাসায় তার হৃদয় সম্পূর্ণভাবে অধিকার করে নেওয়া, তারপর যা কিছু বলার-কওয়ার—দু-চার কথায় বলা বা বোঝানো।
ঠাকুরের বিরক্তি-প্রকাশে গোপালের মার কষ্ট ও শ্রীশ্রীমার তাঁকে সান্ত্বনা দেওয়া
দক্ষিণেশ্বরে পৌঁছেই গোপালের মা ব্যাকুল হয়ে নহবতে শ্রীশ্রীমার কাছে গিয়ে তাঁকে বললেন, “অ বৌমা, গোপাল এইসব জিনিসের পুঁটুলি দেখে রাগ করেছে; এখন উপায়? তা এ-সব আর নিয়ে যাব না, এইখানে বিলিয়ে দিয়ে যাই।”
শ্রীশ্রীমাতাঠাকুরানীর অপার দয়া—বুড়িকে কাতর দেখে সান্ত্বনা দিয়ে বললেন, “উনি বলুনগে। তোমায় দেবার তো কেউ নেই, তা তুমি কী করবে মা—দরকার বলেই তো এনেচ?”
গোপালের মা তবু তার মধ্যে থেকে একখানা কাপড় ও আরও কী কী দু-একটি জিনিস বিলিয়ে দিলেন এবং ভয়ে ভয়ে দু-একটি তরকারি নিজের হাতে রেঁধে ঠাকুরকে ভাত খাওয়াতে গেলেন। অন্তর্যামী ঠাকুর তাঁকে অনুতপ্ত দেখে আর কিছুই বললেন না। আবার গোপালের মার সঙ্গে হেসে কথা বলে আগের মতো ব্যবহার করতে লাগলেন। গোপালের মাও আশ্বস্ত হয়ে ঠাকুরকে খাইয়ে-দাইয়ে বিকেলে কামারহাটি ফিরলেন।
গোপালের মার ঠাকুরে ইষ্ট-বুদ্ধি দৃঢ় হওয়ার পর যে রকম দর্শনাদি হত
আগে বলেছি, গোপালের মার ভাবঘন গোপালমূর্তির প্রথম দর্শনের দুই মাস পরে সে দর্শন আর সদাসর্বক্ষণ হত না। এতে কেউ যেন মনে না করে বসেন যে, তার পরে তাঁর কালেভদ্রে কখনও গোপালমূর্তির দর্শন হত। কারণ, প্রতিদিনই তিনি দিনের মধ্যে দু-দশ বার গোপালের দর্শন পেতেন। যখনই দেখার জন্য প্রাণ ব্যাকুল হত তখনই পেতেন, আবার যখনই কোনো বিষয়ে তাঁর শিক্ষার প্রয়োজন হত তখন গোপাল সামনে সহসা আবির্ভূত হয়ে সংকেতে, কথায় বা নিজে হাতেনাতে করে দেখিয়ে তাঁকে দিয়ে সেইমতো করিয়ে নিতেন। ঠাকুরের শ্রীঅঙ্গে বারবার মিশে গিয়ে তাঁকে শিখিয়েছিলেন, তিনি ও শ্রীরামকৃষ্ণদেব অভিন্ন। খাবার ও শোবার জিনিস চেয়েচিন্তে নিয়ে কীভাবে তাঁর সেবা করা উচিত, তা শিখিয়েছিলেন। আবার কোনো কোনো বিশেষ বিশেষ শ্রীরামকৃষ্ণভক্তের সঙ্গে একত্র বিহার করে বা তাঁদের সঙ্গে অন্য কোনোরকম আচরণ করে দেখিয়ে নিজের মাকে বুঝিয়েছিলেন, এঁরা ও তিনি অভেদ—ভক্ত ও ভগবান এক। কাজেই তাঁদের ছোঁয়ান্যাপা জিনিস খেতেও তাঁর দ্বিধা ক্রমে ক্রমে দূর হয়ে যায়।
শ্রীরামকৃষ্ণদেবে ইষ্টদেব-বুদ্ধি দৃঢ় হওয়ার পর থেকে আর তাঁর বড় একটা গোপালমূর্তির দর্শন হত না। যখন-তখন শ্রীরামকৃষ্ণদেবকেই দেখতে পেতেন, এবং সেই মূর্তির ভিতর দিয়েই বালগোপালরূপী ভগবান তাঁকে যত কিছু শিক্ষা দিতেন। প্রথম প্রথম এতে তাঁর মনে বড়ই অশান্তি হয়। শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলেন, “গোপাল, তুমি আমায় কী করলে, আমার কী অপরাধ হলো, কেন আর আমি তোমায় আগেকার মতো (গোপালরূপে) দেখতে পাই না?” ইত্যাদি। তা শুনে শ্রীরামকৃষ্ণদেব উত্তর দেন, “ওরূপ সদাসর্বক্ষণ দর্শন হলে কলিতে শরীর থাকে না; একুশ দিন মাত্র শরীরটা থেকে তারপর শুকনো পাতার মতো ঝরে পড়ে যায়।” বাস্তবিকই, প্রথম দর্শনের পর দুই মাস গোপালের মা সর্বদাই একটা ভাবের ঘোরে থাকতেন। রান্না-বাড়া, স্নান-খাওয়া, জপ-ধ্যান প্রভৃতি যা কিছু করতেন, সব যেন করতেন আগেকার বহুকালের অভ্যাস ছিল বলে, আর করতে হয় বলে; তাঁর শরীরটা অভ্যাসবশে আপনা-আপনি সেসব কোনোরকমে সেরে নিত, এই পর্যন্ত! কিন্তু তিনি নিজে সদাসর্বক্ষণ যেন একটা প্রবল নেশার ঝোঁকে থাকতেন, কাজেই এভাবে শরীর আর কদিন থাকে? দুই মাসও যে ছিল, এটাই আশ্চর্য! দুই মাস পরে সে নেশার ঝোঁক অনেকটা কেটে গেল। কিন্তু গোপালকে আগের মতো দেখতে না পাওয়ায় আবার এক প্রবল ব্যাকুলতা দেখা দিল। বায়ুপ্রধান ধাত—বায়ু বেড়ে শরীরে বুকের ভিতর একটা দারুণ যন্ত্রণা বোধ হতে লাগল। শ্রীরামকৃষ্ণদেবকে সেইজন্যই বলেন, “বাই বেড়ে বুক যেন আমার করাত দিয়ে চিরচে!” ঠাকুর তা শুনে তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, “ও তোমার হরিবাই; ও গেলে কী নিয়ে থাকবে গো? ও থাকা ভাল; যখন বেশি কষ্ট হবে তখন কিছু খেয়ো।” এই কথা বলে ঠাকুর সেদিন তাঁকে নানারকম ভালো ভালো জিনিস খাওয়ালেন।
ঠাকুরের কাছে মাড়োয়ারী ভক্তদের আসা-যাওয়া
কলিকাতা থেকে আমরা মেয়ে-পুরুষে অনেকে ঠাকুরকে যেমন দেখতে যেতাম, অনেক মাড়োয়ারী মেয়ে-পুরুষও তেমনই সময়ে সময়ে দেখতে আসত। তারা সকলে অনেকগুলি গাড়িতে করে দক্ষিণেশ্বরের বাগানে আসত এবং গঙ্গাস্নান করে ফুল তোলা ও শিবপূজাদি সেরে পঞ্চবটীতে আড্ডা গাড়ত। পরে সেই গাছতলায় উনুন খুঁড়ে ডাল, লেট্টি, চুরমা প্রভৃতি তৈরি করত, দেবতাকে নিবেদন করে আগে ঠাকুরকে সেইসব খাবার দিয়ে যেত এবং পরে নিজেরা প্রসাদ পেত। এদের ভিতর আবার অনেকে ঠাকুরের জন্য বাদাম, কিসমিস, পেস্তা, ছোয়ারা, থালা-মিছরি, আঙুর, বেদানা, পেয়ারা, পান প্রভৃতি নিয়ে এসে তাঁর সামনে ধরে দিয়ে তাঁকে প্রণাম করত। কারণ, তারা আমাদের অনেকের মতো ছিল না, রিক্তহস্তে সাধুর আশ্রমে বা দেবতার স্থানে যে যেতে নেই এ কথা সকলেই জানত, এবং সেজন্য কিছু না কিছু নিয়ে আসতই আসত।
কামনা-করে-দেওয়া জিনিস ঠাকুর গ্রহণ ও ভোজন করতে পারতেন না। ভক্তদেরও তা খেতে দিতেন না
শ্রীরামকৃষ্ণদেব কিন্তু দু-একজন ছাড়া সেইসব মাড়োয়ারীর দেওয়া জিনিসের কিছুই নিজে গ্রহণ করতেন না। বলতেন, “ওরা যদি একখিলি পান দেয় তো তার সঙ্গে ষোলটা কামনা জুড়ে দেয়—‘আমার মকদ্দমায় জয় হোক, আমার রোগ ভাল হোক, আমার ব্যবসায়ে লাভ হোক’ ইত্যাদি!” ঠাকুর নিজে তো সেসব জিনিস খেতেনই না, আবার ভক্তদেরও সেসব খাবার খেতে দিতেন না। তবে, ডাল রুটি ইত্যাদি রাঁধা খাবার, যা তারা ঠাকুর-দেবতাকে ভোগ দিয়ে তাঁকে দিয়ে যেত, ‘প্রসাদ’ বলে নিজেও তা কখনও একটু-আধটু গ্রহণ করতেন এবং আমাদের সকলকেও খেতে দিতেন। তাদের দেওয়া সেইসব মিছরি, মেওয়া প্রভৃতি খাওয়ার অধিকারী ছিলেন একমাত্র নরেন্দ্রনাথ (স্বামী বিবেকানন্দজী)। ঠাকুর বলতেন, “ওর (নরেন্দ্রের) কাছে জ্ঞান-অসি রয়েছে—খাপখোলা তরোয়াল, ওর ওসব খেলে কিছুই দোষ হবে না, বুদ্ধি মলিন হবে না।” তাই ঠাকুর ভক্তদের ভিতর যাকে পেতেন তাকে দিয়ে সেসব খাবার নরেন্দ্রনাথের বাড়িতে পাঠিয়ে দিতেন। যেদিন কাউকে পেতেন না, সেদিন নিজের ভাইপো, মা কালীর ঘরের পূজারী রামলালকে দিয়েই পাঠিয়ে দিতেন। আমরা রামলালদাদার কাছে শুনেছি, রোজ রোজ এভাবে নিয়ে যেতে পাছে রামলাল বিরক্ত হয়, তাই একদিন দুপুরে খাওয়ার পর রামলালকে জিজ্ঞাসা করছেন, “কিরে, তোর কলিকাতায় কোন দরকার নাই?”
রামলাল— আজ্ঞে, আমার কলিকাতায় আর কী দরকার! তবে আপনি বলেন তো যাই।
মাড়োয়ারীদের-দেওয়া খাবার নরেন্দ্রনাথকে পাঠানো
শ্রীরামকৃষ্ণ— না তাই বলছিলাম; বলি, অনেকদিন বেড়াতে-টেড়াতে যাসনি, তাই যদি বেড়িয়ে আসতে ইচ্ছা হয়ে থাকে। তা একবার যা না। যাস তো ঐ টিনের বাক্সয় পয়সা আছে, নিয়ে বরাহনগর থেকে শেয়ারের গাড়িতে করে যাস। তা না হলে রোদ লেগে অসুখ করবে। আর ঐ মিছরি, বাদামগুলো নরেন্দ্রকে দিয়ে আসবি ও তার খবরটা নিয়ে আসবি—সে অনেকদিন আসেনি; তার খবরের জন্য মনটা ‘আটু-পাটু’ কচ্চে।
রামলালদাদা বলেন, “আহা, সে কত সঙ্কোচ, পাছে আমি বিরক্ত হই!” বলা বাহুল্য, রামলালদাদাও এমন সুযোগে কলিকাতায় শুভাগমন করে ভক্তদের আনন্দবর্ধন করতেন।
ঠাকুর মাড়োয়ারীদের দেওয়া মিছরি গোপালের মাকে দিলেন
আজ অনেক মাড়োয়ারী ভক্ত সেইরকমই দক্ষিণেশ্বরে এসেছেন। আগের মতো ফল, মিছরি ইত্যাদি ঠাকুরের ঘরে অনেক জমেছে। এমন সময় গোপালের মা ও কয়েকজন স্ত্রী-ভক্ত ঠাকুরকে দর্শন করতে এসে উপস্থিত। গোপালের মাকে দেখে ঠাকুর কাছে এসে দাঁড়িয়ে তাঁর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে হাত বোলাতে বোলাতে, ছেলে যেমন মাকে পেয়ে কত রকমে আদর করে, তেমনই করতে লাগলেন। গোপালের মার শরীরটা দেখিয়ে সকলকে বললেন, “এ খোলটার ভেতর কেবল হরিতে ভরা; হরিময় শরীর!” গোপালের মাও চুপটি করে দাঁড়িয়ে রইলেন। ঠাকুর এভাবে পায়ে হাত দিচ্ছেন বলে তিনি একটুও সংকুচিত হলেন না! পরে ঘরে যত কিছু ভালো ভালো জিনিস ছিল, সব এনে ঠাকুর বৃদ্ধাকে খাওয়াতে লাগলেন। গোপালের মা দক্ষিণেশ্বরে গেলে ঠাকুর এমনই করতেন ও খাওয়াতেন! গোপালের মা তাঁকে একদিন বলেন, “গোপাল, তুমি আমায় অত খাওয়াতে ভালবাস কেন?”
শ্রীরামকৃষ্ণ— তুমি যে আমায় আগে কত খাইয়েছ।
গোপালের মা—আগে—কবে খাইয়েছি?
শ্রীরামকৃষ্ণ— জন্মান্তরে।
সমস্ত দিন দক্ষিণেশ্বরে কাটিয়ে গোপালের মা যখন কামারহাটি ফিরবেন বলে বিদায় নিচ্ছেন, তখন ঠাকুর মাড়োয়ারীদের দেওয়া যত মিছরি এনে গোপালের মাকে দিলেন ও সঙ্গে নিয়ে যেতে বললেন। গোপালের মা বললেন, “অত মিছরি সব দিচ্ছ কেন?”
শ্রীরামকৃষ্ণ— (গোপালের মার চিবুক সাদরে ধরে) ওগো, ছিলে গুড়, হলে চিনি, তারপর হলে মিছরি! এখন মিছরি হয়েছ—মিছরি খাও আনন্দ কর।
ঠাকুর মাড়োয়ারীদের মিছরি এভাবে গোপালের মাকে দিলেন দেখে সকলে অবাক হয়ে রইল—বুঝল, ঠাকুরের কৃপায় এখন আর গোপালের মার মন কিছুতেই মলিন হওয়ার নয়। গোপালের মা আর কী করেন, অগত্যা সেই মিছরিগুলি নিয়ে গেলেন, নইলে গোপাল (শ্রীরামকৃষ্ণদেব) ছাড়েন না; আর শরীর থাকতে তো সব জিনিসেরই প্রয়োজন—গোপালের মা যেমন কখনও কখনও আমাদের বলতেন, “শরীর থাকতে সব চাই—জিরেটুকু মেথিটুকু পর্যন্ত, এমন দেখিনি!”
দর্শনের কথা অপরকে বলতে নেই
গোপালের মা আগে থেকেই জপ-ধ্যান করতে করতে যা কিছু দেখতেন, সব ঠাকুরকে এসে বলতেন; তা শুনে ঠাকুর বলতেন, “দর্শনের কথা কাউকে বলতে নেই, তা হলে আর হয় না।” সে কথায় গোপালের মা একদিন বলেন, “কেন? সে সব তো তোমারি দর্শনের কথা, তোমায়ও বলতে নাই?” ঠাকুর তার উত্তরে বলেন, “এখানকার দর্শন হলেও আমাকে বলতে নাই।” গোপালের মা বললেন, ‘বটে?’ তখন থেকে তিনি আর দর্শনাদির কথা কারও কাছে বড় একটা বলতেন না। শ্রীরামকৃষ্ণদেব যা বলতেন, সরল উদার গোপালের মার তাতেই একেবারে পাকা বিশ্বাস হত। আর সংশয়াত্মা আমরা? ঠাকুরের কথা যাচাই করতে করতেই আমাদের জীবনটা কেটে গেল—সেগুলি জীবনে পরিণত করে তার ফলভোগে আনন্দ করা আর হয়ে উঠল না!
ঠাকুর স্বামী বিবেকানন্দের সঙ্গে গোপালের মা-র পরিচয় করিয়ে দিলেন
এই সময় একদিন গোপালের মা ও শ্রীমান নরেন্দ্রনাথ (বিবেকানন্দ স্বামীজী) দুজনেই দক্ষিণেশ্বরে উপস্থিত। নরেন্দ্রনাথের তখনও ব্রাহ্মসমাজের নিরাকারবাদে বেশ ঝোঁক। ঠাকুরদেবতা—পৌত্তলিকতায় বিশেষ বিদ্বেষ; তবে এই ধারণা হয়েছে যে, পুতুলমূর্তি-টূর্তি অবলম্বন করেও লোক নিরাকার সর্বভূতস্থ ভগবানে কালক্রমে পৌঁছয়। ঠাকুরের রসবোধটা খুব ছিল। একদিকে এই সর্বগুণান্বিত সুপণ্ডিত মেধাবী বিচারপ্রিয় ভগবদ্ভক্ত নরেন্দ্রনাথ এবং অপরদিকে গরিব কাঙালী, শুধু নাম অবলম্বন করে শ্রীভগবানের দর্শন ও কৃপাপ্রয়াসী সরলবিশ্বাসী গোপালের মা—যিনি কখনও লেখাপড়া জ্ঞানবিচারের ধার দিয়েও যাননি—দুজনকে একসঙ্গে পেয়ে এক মজা বাধিয়ে দিলেন। ব্রাহ্মণী যেভাবে বালগোপালরূপী ভগবানের দর্শন পান এবং তখন থেকে গোপাল যেভাবে তাঁর সঙ্গে লীলাবিলাস করছেন, সে সমস্ত কথা শ্রীযুত নরেন্দ্রের কাছে গোপালের মাকে বলতে বললেন। গোপালের মা ঠাকুরের কথা শুনে বললেন, “তাতে কিছু দোষ হবে না তো, গোপাল?” পরে এ বিষয়ে ঠাকুরের আশ্বাস পেয়ে অশ্রুজল ফেলতে ফেলতে গদ্গদস্বরে গোপালরূপী শ্রীভগবানের প্রথম দর্শনের পর থেকে দুই মাস ধরে যত লীলাবিলাস হয়েছিল, তার কথা আদ্যোপান্ত বলতে লাগলেন—কেমন করে গোপাল তাঁর কোলে উঠে কাঁধে মাথা রেখে কামারহাটি থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সারা পথ এসেছিল, আর তার লাল টুকটুকে পা দুখানি যে তাঁর বুকের উপর ঝুলছিল, তা তিনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন; ঠাকুরের অঙ্গে কেমন মাঝে মাঝে প্রবেশ করে আবার বেরিয়ে পুনরায় তাঁর কাছে এসেছিল; শোবার সময় বালিশ না পেয়ে বারবার খুঁতখুঁত করেছিল; রাঁধবার কাঠ কুড়িয়েছিল এবং খাওয়ার জন্য দৌরাত্ম্য করেছিল—সব কথা সবিস্তারে বলতে লাগলেন। বলতে বলতে বুড়ি ভাবে বিভোর হয়ে গোপালরূপী শ্রীভগবানকে পুনরায় দর্শন করতে লাগলেন। নরেন্দ্রনাথের বাইরে কঠোর জ্ঞানবিচারের আবরণ থাকলেও ভিতরটা চিরকালই ভক্তিপ্রেমে ভরা ছিল—তিনি বুড়ির এমন ভাবাবস্থা ও দর্শনাদির কথা শুনে অশ্রুজল সংবরণ করতে পারলেন না। আবার বলতে বলতে বুড়ি বারবার নরেন্দ্রনাথকে সরল মনে জিজ্ঞাসা করতে লাগলেন, “বাবা, তোমরা পণ্ডিত বুদ্ধিমান, আমি দুঃখী কাঙালী কিছুই জানি না, কিছুই বুঝি না—তোমরা বল, আমার এসব তো মিথ্যা নয়?” নরেন্দ্রনাথও বারবার বুড়িকে আশ্বাস দিয়ে বুঝিয়ে বললেন, “না, মা, তুমি যা দেখেছ সে সব সত্য!” গোপালের মা যে ব্যাকুল হয়ে শ্রীযুত নরেন্দ্রনাথকে এভাবে জিজ্ঞাসা করেছিলেন, তার কারণ বোধ হয় এই যে, তখন আর তিনি আগের মতো সর্বদা শ্রীগোপালের দর্শন পেতেন না।
গোপালের মা-র নিমন্ত্রণে কামারহাটির বাগানে ঠাকুরের গমন ও সেখানে প্রেতযোনিদর্শন
এই সময়ে ঠাকুর একদিন শ্রীযুত রাখালকে (ব্রহ্মানন্দ স্বামী) সঙ্গে নিয়ে কামারহাটিতে গোপালের মার কাছে এসে উপস্থিত—বেলা দশটা আন্দাজ হবে। কারণ, গোপালের মার বিশেষ ইচ্ছা হয়েছিল, নিজের হাতে ভালো করে রেঁধে একদিন ঠাকুরকে খাওয়াবেন। বুড়ি তো ঠাকুরকে পেয়ে আহ্লাদে আটখানা। যা জোগাড় করতে পেরেছিলেন, তাই জলযোগের জন্য দিয়ে জল খাওয়ালেন; তারপর বাবুদের বৈঠকখানার ঘরে ভালো করে বিছানা পেতে তাঁকে বসিয়ে নিজে কোমর বেঁধে রাঁধতে গেলেন। ভিক্ষা-সিক্ষা করে নানা ভালো ভালো জিনিস জোগাড় করেছিলেন। —নানারকম রান্না করে দুপুরে ঠাকুরকে বেশ করে খাওয়ালেন এবং বিশ্রামের জন্য মেয়েমহলের দোতলার দক্ষিণদিকের ঘরখানিতে নিজের লেপখানি পেতে, ধোপদোস্ত চাদর একখানি তার উপর বিছিয়ে ভালো করে বিছানা করে দিলেন! ঠাকুরও তাতে শুয়ে একটু বিশ্রাম করতে লাগলেন। শ্রীযুত রাখালও ঠাকুরের পাশেই শুলেন, কারণ রাখাল মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দকে ঠাকুর ঠিক ঠিক নিজের সন্তানের মতো দেখতেন এবং তাঁর সঙ্গে সর্বদা সেইরকম ব্যবহার করতেন।
এই সময়ে সেখানে ঠাকুর এক অদ্ভুত ব্যাপার দেখেন। তাঁর নিজের মুখ থেকে শোনা বলেই তা আমরা এখানে বলতে সাহস করছি, নইলে সে কথা চেপে যাব ভেবেছিলাম। ঠাকুরের দিনে-রাতে ঘুম অল্পই হত, কাজেই তিনি স্থির হয়ে শুয়ে আছেন; আর রাখাল মহারাজ তাঁর পাশে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় ঠাকুর বলেন, “একটা দুর্গন্ধ বেরুতে লাগল; তারপর দেখি ঘরের কোণে দুটো মূর্তি! বিটকেল চেহারা, পেট থেকে বেরিয়ে পড়ে নাড়ি-ভুঁড়িগুলো ঝুলচে; আর মুখ, হাত, পা মেডিকেল কলেজে যেমন একবার মানুষের হাড়গোড় সাজানো দেখেছিলাম (মানব-অস্থি-কঙ্কাল) ঠিক সেইরকম। তারা আমাকে অনুনয় করে বলচে, ‘আপনি এখানে কেন? আপনি এখান থেকে যান, আপনার দর্শনে আমাদের (নিজেদের অবস্থার কথা মনে পড়ে বোধ হয়!) বড় কষ্ট হচ্চে!’ এদিকে তারা ঐরূপ কাকুতি-মিনতি কচ্চে, ওদিকে রাখাল ঘুমুচ্চে। তাদের কষ্ট হচ্চে দেখে বেটুয়া ও গামছাখানা নিয়ে চলে আসবার জন্য উঠচি, এমন সময় রাখাল জেগে বলে উঠল, ‘ওগো, তুমি কোথায় যাও?’ আমি তাকে ‘পরে সব বলব’ বলে তার হাত ধরে নীচে নেমে এলাম ও বুড়িকে (তার তখন খাওয়া হয়েছে মাত্র) বলে নৌকায় গিয়ে উঠলাম। তখন রাখালকে সব বলি—এখানে দুটো ভূত আছে। বাগানের পাশেই কামারহাটির কল—ঐ কলের সাহেবরা খানা খেয়ে হাড়গোড়গুলো যা ফেলে দেয় তাই শোঁকে (কারণ ঘ্রাণ নেওয়াই তাদের ভোজন করা!) ও ঐ ঘরে থাকে! বুড়িকে ও কথার কিছু বললুম না—তাকে ঐ বাড়িতেই সদাসর্বক্ষণ একলা থাকতে হয়—ভয় পাবে।”
কাশীপুরের বাগানে ঠাকুর গোপালের মাকে ক্ষীর খাওয়ালেন ও বললেন—তাঁর মুখ দিয়ে গোপাল খান
কলিকাতার যে রাস্তাটি বাগবাজার গঙ্গার ধার দিয়ে পুল পার হয়ে উত্তরমুখো বরাবর বরাহনগর বাজার পর্যন্ত গেছে, সেই রাস্তার উপরেই মতিঝিল বা কলিকাতার বিখ্যাত ধনী পরলোকগত মতিলাল শীলের বাগানের সামনের ঝিল। সেই মতিঝিলের উত্তরাংশ যেখানে রাস্তায় মিলেছে, তার পুব দিকে রাস্তার অপর পারেই রানী কাত্যায়নীর (লালাবাবুর পত্নী) জামাতা ৺কৃষ্ণগোপাল ঘোষের উদ্যানবাটী। সেই বাগানেই শ্রীরামকৃষ্ণদেব আট মাস কাল বাস করে (১৮৮৫ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ১৮৮৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত) ভক্তদের স্থূলনেত্রের সামনে থেকে অন্তর্হিত হন। সেই উদ্যানই তাঁদের কাছে ‘কাশীপুরের বাগান’ নামে অভিহিত হয়ে সকলের মনে কতই না হর্ষ-শোক জাগিয়ে দেয়! তোমরা বলবে—ঠাকুর তো তখন রোগশয্যায়, তবে হর্ষ আবার কিসের? আপাতদৃষ্টিতে রোগশয্যা বটে, কিন্তু ঠাকুরের দেবশরীরে ওই প্রকার রোগের বাহ্যিক বিকাশ তাঁর ভক্তদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করে এবং একত্র মিলিয়ে কী এক অদৃষ্টপূর্ব প্রণয়বন্ধনে যে গ্রথিত করেছিল, তা বলে বোঝাবার নয়। অন্তরঙ্গ, বহিরঙ্গ, সন্ন্যাসী, গৃহী, জ্ঞানী, ভক্ত—এই সব বিভিন্ন শ্রেণির বিকাশ ভক্তদের ভিতর এখানেই স্পষ্ট হয়ে ওঠে; আবার এরা সকলেই যে এক পরিবারের অন্তর্গত, এ ধারণার সুদৃঢ় ভিত্তি এখানেই প্রতিষ্ঠিত হয়। আবার কত লোকই যে এখানে এসে ধর্মালোক অপরোক্ষানুভব করে ধন্য হয়ে গিয়েছিল, তার ইয়ত্তা কে করবে? এখানেই শ্রীমান নরেন্দ্রনাথের সাধনায় নির্বিকল্পসমাধি-অনুভব, এখানেই ঠাকুরের শ্রীহস্ত থেকে নরেন্দ্রপ্রমুখ বারোজন বালকভক্তের গৈরিকবসন-লাভ, আবার এখানেই ১৮৮৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি বিকেলে (বেলা তিনটে থেকে চারটের ভিতর) বাগানের পথে শেষদিন বেড়াতে নেমে ভক্তবৃন্দের সকলকে দেখে ঠাকুরের অপূর্ব ভাবান্তর দেখা দেয় এবং ‘আমি আর তোমাদের কী বলব, তোমাদের চৈতন্য হোক!’ বলে সকলের বুক শ্রীহস্ত দিয়ে স্পর্শ করে তিনি তাদের মধ্যে প্রত্যক্ষ ধর্মশক্তি সঞ্চারিত করেন! দক্ষিণেশ্বরে যেমন, এখানেও তেমনই স্ত্রী-পুরুষের নিত্য ভিড় জমত! এখানেও শ্রীশ্রীমাতাঠাকুরানী ঠাকুরের খাবার তৈরি করা ইত্যাদি সেবায় নিত্য নিযুক্ত থাকতেন, এবং গোপালের মা প্রমুখ ঠাকুরের সব স্ত্রী-ভক্ত তাঁর কাছে এসে ঠাকুরের ও তাঁর ভক্তদের সেবায় সাহায্য করতেন—কেউ কেউ রাতও কাটিয়ে যেতেন। অতএব কাশীপুর উদ্যানে ভক্তদের অপূর্ব মেলার কথা অনুধাবন করলে আমাদের মনে হয়, জগদম্বা এক অদৃষ্টপূর্ব মহদুদ্দেশ্য সিদ্ধ করবেন বলেই ঠাকুরের দেবশরীরে ব্যাধির সঞ্চার করেছিলেন। এখানে ঠাকুরের নিত্যনতুন লীলা ও নতুন নতুন ভক্তের সমাগম দেখে এবং ঠাকুরের সদানন্দমূর্তি ও নিত্য অদৃষ্টপূর্ব শক্তিপ্রকাশ দর্শন করে অনেক পুরোনো ভক্তেরও মনে হয়েছিল, ঠাকুর লোকহিতের জন্য একটা রোগের ভান করে রয়েছেন মাত্র—ইচ্ছা করলেই সেই রোগ দূরীভূত করে আগের মতো সুস্থ হবেন।
* * *
কাশীপুরের উদ্যান—ঠাকুর বার্লি, ভার্মিসেলি, সুজি প্রভৃতি তরল খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। একদিন তিনি পালোদেওয়া ক্ষীর—যেমন কলিকাতায় নিমন্ত্রণবাড়িতে খেতে পাওয়া যায়—খেতে ইচ্ছা প্রকাশ করলেন—কেউই তাতে ওজর-আপত্তি করল না, কারণ দুধে সেদ্ধ সুজি বা বার্লি যখন খাওয়া চলছে, তখন পালো-মেশানো ক্ষীর একটু খেলে আর অসুখ বেশি কী বাড়বে? ডাক্তারেরাও অমত করলেন না। তাই ঠিক হল—শ্রীযুত যোগীন্দ্র (যোগানন্দ স্বামীজী) পরদিন ভোরে কলিকাতা গিয়ে সেইরকম ক্ষীর একখানা কিনে আনবেন!
যোগীন্দ্র বা যোগেন ঠিক সময়ে রওনা হলেন। পথে যেতে যেতে ভাবতে লাগলেন, ‘বাজারের ক্ষীরে পালো ছাড়া আরো কত কী ভেজাল মিশানো থাকে—ঠাকুরের খেলে অসুখ বাড়বে না তো?’ ভক্তদের সকলেই ঠাকুরকে প্রাণের প্রাণস্বরূপ দেখতেন, কাজেই ঠাকুরের অসুখ হওয়ার পর থেকে সকলের মনেই সর্বদা ওই এক চিন্তাই থাকত। সেইজন্যই নিশ্চয় যোগেনের মনে এমন চিন্তা জাগল। আবার ভাবলেন—কিন্তু ঠাকুরকে তো সে কথা জিজ্ঞাসা করে আসেননি, তাই কোনো ভক্তকে দিয়ে ওইরকম ক্ষীর তৈরি করিয়ে নিয়ে গেলে তিনি তো বিরক্ত হবেন না? সাত-পাঁচ ভাবতে ভাবতে যোগানন্দ বাগবাজারে বলরামবাবুর বাড়িতে পৌঁছলেন এবং আসার কারণ সকলে জিজ্ঞাসা করলে সব কথা বললেন। সেখানে ভক্তেরা সকলে বললেন, ‘বাজারের ক্ষীর কেন? আমরাই পালো দিয়ে ক্ষীর করে দিচ্ছি; কিন্তু এ-বেলা তো নিয়ে যাওয়া হবে না, কারণ করতে দেরি হবে। অতএব তুমি এ-বেলা এখানে খাওয়া-দাওয়া কর, ইতোমধ্যে ক্ষীর তৈয়ার হয়ে যাবে। বেলা তিনটার সময় নিয়ে যেও।’ যোগেনও সে কথায় সম্মত হয়ে সেইমতো করলেন এবং বেলা প্রায় চারটের সময় ক্ষীর নিয়ে কাশীপুরে এসে উপস্থিত হলেন।
এদিকে শ্রীরামকৃষ্ণদেব দুপুরেই ক্ষীর খাবেন বলে অনেকক্ষণ অপেক্ষা করে শেষে যা খেতেন তাই খেলেন। পরে যোগেন এসে পৌঁছলে সব কথা শুনে বিশেষ বিরক্ত হয়ে যোগেনকে বললেন, “তোকে বাজার থেকে কিনে আনতে বলা হলো, বাজারের ক্ষীর খাবার ইচ্ছা, তুই কেন ভক্তদের বাড়ি গিয়ে তাদের কষ্ট দিয়ে এইরূপে ক্ষীর নিয়ে এলি? তারপর ও ক্ষীর ঘন, গুরুপাক, ও কি খাওয়া চলবে—ও আমি খাব না।” সত্যিই তিনি তা স্পর্শও করলেন না—শ্রীশ্রীমাকে সবটা গোপালের মাকে খাওয়াতে বলে দিয়ে বললেন, “ভক্তের দেওয়া জিনিস, ওর ভেতর গোপাল আছে, ও খেলেই আমার খাওয়া হবে।”
গোপালের মা-র বিশ্বরূপ-দর্শন
ঠাকুরের অদর্শন হলে গোপালের মার আর অশান্তির সীমা রইল না। অনেকদিন আর কামারহাটি ছেড়ে কোথাও যাননি। একলা নির্জনেই থাকতেন। পরে আবার আগের মতো ঠাকুরের দর্শনাদি পেয়ে সে ভাবটা শান্ত হল। ঠাকুরের অদর্শনের পরেও গোপালের মার এমন দর্শনাদির কথা আমরা অনেক শুনেছি। তার মধ্যে একবার গঙ্গার অপর পারে মাহেশের রথযাত্রা দেখতে গিয়ে সর্বভূতে শ্রীগোপালের দর্শন পেয়ে তাঁর বিশেষ আনন্দ হয়। তিনি বলতেন—তখন দেখেন, রথ, রথের উপর শ্রীশ্রীজগন্নাথদেব, যারা রথ টানছে, সেই অপার জনসংঘ—সবই তাঁর গোপাল! —ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে রয়েছেন মাত্র! এভাবে শ্রীভগবানের বিশ্বরূপের দর্শনাভাস পেয়ে ভাবে প্রেমে উন্মত্ত হয়ে তাঁর আর বাহ্যজ্ঞান ছিল না। একজন স্ত্রী-বন্ধুর কাছে তিনি নিজে সে কথা বলতে গিয়ে বলেছিলেন, “তখন আর আমাতে আমি ছিলাম না—নেচে হেসে কুরুক্ষেত্র করেছিলাম।”
বরাহনগর মঠে গোপালের মা
তখন থেকে প্রাণে কিছুমাত্র অশান্তি হলেই তিনি বরাহনগর মঠে ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের কাছে আসতেন এবং এলেই শান্তি পেতেন। যেদিন তিনি মঠে আসতেন, সেদিন সন্ন্যাসী ভক্তেরা তাঁকেই অনুরোধ করতেন ঠাকুরকে ভোগ দিয়ে খাওয়াতে। গোপালের মাও সানন্দে দু-একখানা তরকারি নিজের হাতে রেঁধে ঠাকুরকে খাওয়াতেন। মঠ যখন আলমবাজারে ও পরে গঙ্গার অপর পারে নীলাম্বরবাবুর বাড়িতে উঠে যায়, তখনও গোপালের মা কখনও কখনও এভাবে সেইসব জায়গায় গিয়ে সমস্ত দিন থেকে আনন্দ করতেন—কখনও এক-আধদিন রাতও কাটিয়েছিলেন।
পাশ্চাত্য মহিলাদের সঙ্গে গোপালের মা
শ্রীবিবেকানন্দ স্বামীজীর বিলাত থেকে ফিরে আসার পর সারা (Mrs. Sara C. Bull), জয়া[2](Miss J. MacLeod) ও নিবেদিতা যখন ভারতে আসেন, তখন তাঁরা একদিন গোপালের মাকে কামারহাটিতে দর্শন করতে যান এবং তাঁর কথায় ও আদরে বিশেষ আপ্যায়িত হন! আমাদের মনে আছে, গোপালের মা সেদিন তাঁর গোপাল তাঁদের ভিতরেও রয়েছেন দেখে তাঁদের চিবুক ধরে সস্নেহে চুম্বন করেন, নিজের বিছানায় সাদরে বসিয়ে মুড়ি, নারকেল-নাড়ু প্রভৃতি যা ঘরে ছিল তা খেতে দেন, এবং তাঁরা জিজ্ঞাসা করায় নিজের দর্শনাদির কথা তাঁদের কিছু কিছু বলেন। তাঁরাও খাবারগুলি সানন্দে খেয়ে ও তাঁর সেই সব কথা শুনে মোহিত হন এবং ওই মুড়ির কিছুটা আমেরিকায় নিয়ে যাবেন বলে চেয়ে নেন।
সিস্টার নিবেদিতার ভবনে গোপালের মা
গোপালের মার অদ্ভুত জীবনকথা শুনে সিস্টার নিবেদিতা এতই মোহিত হন যে, ১৯০৪ খ্রিস্টাব্দে যখন গোপালের মার শরীর অসুস্থ ও বিশেষ অপটু হয়ে পড়ায় তাঁকে বাগবাজারে বলরামবাবুর বাড়িতে আনা হয়, তখন তাঁকে বাগবাজারে নিজের ভবনে (১৭ নং বসুপাড়া) নিয়ে গিয়ে রাখার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেন। গোপালের মাও তাঁর আগ্রহে রাজি হয়ে সেখানে যান; কারণ আগেই বলেছি, ধীরে ধীরে সব বিষয়েই তাঁর দ্বিধা শ্রীগোপালজী দূর করে দিয়েছিলেন। তারই দৃষ্টান্তস্বরূপ এখানে আর একটি কথা মনে পড়ছে—দক্ষিণেশ্বরে শ্রীযুত নরেন্দ্রনাথ একদিন মা কালীর প্রসাদী পাঁঠা এক বাটি খেয়ে হাত ধুতে গেলে ঠাকুর একজন স্ত্রী-ভক্তকে সেই জায়গা পরিষ্কার করতে বলেন। গোপালের মা সেখানে দাঁড়িয়ে ছিলেন। ঠাকুরের সে কথা শোনামাত্র তিনি (গোপালের মা) সেই সব হাড়গোড়-উচ্ছিষ্টাদি তৎক্ষণাৎ নিজের হাতে সরিয়ে জায়গাটা পরিষ্কার করেন! ঠাকুর তা দেখে আনন্দে সেই স্ত্রী-ভক্তকে বলেন, “দেখ, দেখ, দিন দিন কী উদার হয়ে যাচ্ছে!”
গোপালের মার শরীরত্যাগ
তখন থেকে গোপালের মা সিস্টার নিবেদিতার ভবনে বাস করতে লাগলেন। স্বামীজীর মানস-কন্যা নিবেদিতাও মাতৃনির্বিশেষে তাঁর সেবা করতে লাগলেন। তাঁর খাওয়ার বন্দোবস্ত কাছেরই এক ব্রাহ্মণ-পরিবারে করে দেওয়া হল। খাওয়ার সময় গোপালের মা সেখানে গিয়ে দুটি ভাত খেয়ে আসতেন এবং রাতে লুচি ইত্যাদি সেই ব্রাহ্মণ-পরিবারের কেউ নিজে গোপালের মার ঘরে পৌঁছে দিতেন। এভাবে প্রায় দুই বছর বাস করে গোপালের মা গঙ্গাগর্ভে শরীরত্যাগ করেন। তাঁকে তীরস্থ করার সময় নিবেদিতা পুষ্প, চন্দন, মাল্যাদি দিয়ে তাঁর শয্যাদি স্বহস্তে সুন্দরভাবে ঢেকে সাজিয়ে দেন, একদল কীর্তনীয়া আনেন, এবং স্বয়ং খালি পায়ে সাশ্রুনয়নে সঙ্গে সঙ্গে গঙ্গাতীর পর্যন্ত গিয়ে, যে দুই দিন গঙ্গাতীরে গোপালের মা জীবিত ছিলেন, সেই দুই দিন সেখানেই রাত কাটান। ১৯০৬ খ্রিস্টাব্দের ৮ জুলাই অথবা সন ১৩১৩ সালের ২৪ আষাঢ় ব্রাহ্মমুহূর্তে উদীয়মান সূর্যের রক্তিমাভায় যখন পূর্বগগন রঞ্জিত হয়ে অপূর্ব শ্রী ধারণ করছে এবং নীলাম্বরতলে দু-চারটি ক্ষীণপ্রভ তারকা ক্ষীণজ্যোতি চক্ষুর মতো পৃথিবীপানে দৃষ্টিপাত করে রয়েছে, যখন শৈলসুতা ভাগীরথী জোয়ারে পূর্ণ হয়ে ধবল তরঙ্গে দুই কূল প্লাবিত করে মৃদুমধুর নাদে প্রবাহিত, সেই সময়ে গোপালের মার শরীর সেই তরঙ্গে অর্ধনিমজ্জিত অবস্থায় স্থাপন করা হল এবং তাঁর পূত প্রাণপঞ্চ শ্রীভগবানের অভয়পদে মিলিত হল ও তিনি অভয়ধাম প্রাপ্ত হলেন।
আত্মীয়েরা কেউ কাছে না থাকায় বেলুড়মঠের একজন ব্রাহ্মণ ব্রহ্মচারীই গোপালের মার মৃত শরীরের সৎকার করে বারো দিন নিয়ম পালন করলেন।
গোপালের মা-র কথার উপসংহার
শোকসন্তপ্তহৃদয়া সিস্টার নিবেদিতা সেই বারো দিন কেটে গেলে গোপালের মা-র পরিচিত, পাড়ার অনেক স্ত্রীলোককে নিজের স্কুলবাড়িতে নিমন্ত্রণ করে আনিয়ে কীর্তন ও উৎসবাদির বন্দোবস্ত করে দিলেন।
গোপালের মা শ্রীরামকৃষ্ণদেবের যে ছবিখানি এতদিন পূজা করে আসছিলেন, তা বেলুড়মঠের ঠাকুরঘরে রাখার জন্য দিয়ে গিয়েছিলেন, এবং সেই সঙ্গে ওই ঠাকুরসেবার জন্য দুশো টাকাও।
শরীরত্যাগের দশ-বারো বছর আগে থেকে তিনি নিজেকে সন্ন্যাসিনী বলে গণ্য করতেন এবং সর্বদা গৈরিকবসনই পরতেন।
[1] এই বিগ্রহ এখন কোঠারে আছেন।
[2] পরমারাধ্যা শ্রীশ্রীমাতাঠাকুরানী এঁদের ওই নামে ডাকতেন এবং এঁদের সরলতা, ভক্তি, বিশ্বাসাদি দেখে বিশেষ প্রীত হয়েছিলেন।
(ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাহাত্তরতম জন্মোৎসব উপলক্ষে সন ১৩১৪ সালের ৬ই চৈত্র বেলুড় মঠে আহূত সভায় পঠিত প্রবন্ধ)
শ্রীরামকৃষ্ণদেবের যোগবিভূতিগুলির কথা শুনেই সাধারণ মানুষের তাঁর প্রতি ভক্তি
ভগবান শ্রীরামকৃষ্ণের দেবভাব সম্বন্ধে অনেকেই অনেক কথা বলেন; এমনকি, অনেকের শ্রদ্ধা, বিশ্বাস এবং নির্ভরের কারণ অনুসন্ধান করলে তাঁর অমানুষী যোগবিভূতিগুলিই তার মূলে দেখা যায়। কেন তুমি তাঁকে মানো? —এ প্রশ্নের উত্তরে বক্তা প্রায়ই বলেন যে, শ্রীরামকৃষ্ণদেব বহুদূরের ঘটনাবলি ভাগীরথীতীরে দক্ষিণেশ্বর-মন্দিরে বসে দেখতে পেতেন, স্পর্শ করে কঠিন কঠিন শারীরিক ব্যাধি কখনও কখনও সারিয়ে দিয়েছেন, দেবতাদের সঙ্গেও তাঁর সর্বদা কথাবার্তা হত, এবং তাঁর বাক্য এত অমোঘ ছিল যে, মুখপদ্ম থেকে কোনো অসম্ভব কথা বেরোলেও বহিঃপ্রকৃতির ঘটনাবলিও ঠিক সেইভাবে পরিবর্তিত এবং নিয়ন্ত্রিত হত। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে যে, রাজদ্বারে প্রাণদণ্ডের আদেশ পাওয়া লোকও তাঁর কৃপাকণা ও আশীর্বাদ লাভ করে আসন্ন মৃত্যু থেকে রক্ষা পেয়েছিল এবং বিশেষ সম্মানিত পর্যন্ত হয়েছিল; অথবা যে গাছে কেবলমাত্র রক্তকুসুমই ফোটে, সেই গাছে শ্বেত কুসুমেরও আবির্ভাব হয়েছিল, ইত্যাদি।
অথবা বলেন যে, তিনি মনের কথা বুঝতে পারতেন, তাঁর তীক্ষ্ণ দৃষ্টি প্রত্যেক মানবশরীরের স্থূল আবরণ ভেদ করে তার মনের চিন্তা, গঠন এবং প্রবৃত্তিগুলি পর্যন্তও দেখতে পেত, তাঁর কোমল করস্পর্শমাত্রেই চঞ্চলচিত্ত ভক্তের চোখে ইষ্টমূর্তি প্রভৃতির আবির্ভাব হত, অথবা গভীর ধ্যানের এবং কোনো কোনো অধিকারীর বেলায় নির্বিকল্প সমাধির দ্বার পর্যন্ত উন্মুক্ত হত।
কেউ কেউ আবার বলেন যে, কেন তাঁকে মানি, তা আমি জানি না, কী এক অদ্ভুত জ্ঞান এবং প্রেমের সম্পূর্ণ আদর্শ যে তাঁর মধ্যে দেখেছি, তা জীবিত বা পরিচিত মনুষ্যকুলের তো কথাই নেই, বেদপুরাণাদি গ্রন্থে নিবদ্ধ, জগৎপূজ্য আদর্শগুলির মধ্যেও দেখতে পাই না! —সেগুলিও তাঁর পাশে আমার চোখে হীনজ্যোতি হয়ে যায়। এটা আমার মনের ভ্রম কি না, তা বলতে অক্ষম, কিন্তু আমার চোখ সেই উজ্জ্বল প্রভায় ঝলসে গেছে এবং মন তাঁর প্রেমে চিরকালের মতো মগ্ন হয়েছে, ফেরাবার চেষ্টা করলেও ফেরে না, বোঝালেও বোঝে না; জ্ঞান তর্ক যুক্তি যেন কোথায় ভেসে গেছে। এইটুকুমাত্র আমি বলতে সক্ষম –
“দাস তব জনমে জনমে দয়ানিধে;
তব গতি নাহি জানি।
মম গতি—তাহাও না জানি।
কেবা চায় জানিবারে?
ভুক্তি মুক্তি ভক্তি আদি যত
জপ তপ সাধন ভজন,
আজ্ঞা তব দিয়াছি তাড়ায়ে,
আছে মাত্র জানাজানি-আশ,
তাও প্রভু কর পার।”
– স্বামী বিবেকানন্দ
অতএব দেখা যাচ্ছে যে, শেষে বলা অল্পসংখ্যক ব্যক্তির কথা ছেড়ে দিলে বাকি সাধারণ মানুষ স্থূল বাহ্যিক বিভূতি অথবা সূক্ষ্ম মানসিক বিভূতির জন্যই তাঁকে ভক্তি-বিশ্বাস করে ও তাঁর উপর নির্ভর করে। স্থূলদৃষ্টি মানব মনে করে যে, তাঁকে মানলে তারও রোগাদি সেরে যাবে, অথবা তারও সংকট-বিপদের সময়ে বাহ্যিক ঘটনাগুলি তার অনুকূলে নিয়ন্ত্রিত হবে। স্পষ্ট স্বীকার না করলেও তার মনের ভিতর যে এই স্বার্থপরতার স্রোত বয়ে চলেছে, তা দেখতে বিলম্ব হয় না।
দ্বিতীয় শ্রেণির কিছুটা সূক্ষ্মদৃষ্টি মানবও তাঁর কৃপায় দূরদর্শনাদি বিভূতি লাভ করবে, তাঁর সাঙ্গোপাঙ্গদের মধ্যে গণ্য হয়ে গোলোকাদি স্থানে বাস করবে, অথবা আরও কিছুটা সমুন্নতদৃষ্টি হলে সমাধিস্থ হয়ে জন্ম-জরাদি বন্ধন থেকে মুক্তিলাভ করবে—এইজন্যই তাঁকে মানে। নিজের প্রয়োজনসিদ্ধি যে এই বিশ্বাসেরও মূলে রয়েছে, তা বুঝতে বিলম্ব হয় না।
সত্য হলেও সেসবের আলোচনা আমাদের উদ্দেশ্য নয়, কারণ সকাম ভক্তি উন্নতির হানিকর
শ্রীরামকৃষ্ণদেবের এমন সব দৈববিভূতির ভূরি নিদর্শন পেলেও, অথবা নিজ নিজ অভীষ্টসিদ্ধির প্রয়োজনে করা সকাম ভক্তিও যে তাঁতে অর্পিত হয়ে অশেষ মঙ্গলের কারণ হয়, এ বিষয়ে সন্দিহান না হলেও, সেসব বিষয়ের আলোচনা আজকের প্রবন্ধের উদ্দেশ্য নয়; তাঁর মনুষ্যভাবের চিত্র কিছুটা অঙ্কিত করার চেষ্টাই আজ আমাদের উদ্দেশ্য।
সকাম ভক্তি—নিজের কোনো অভাবপূরণের জন্য ভক্তি—ভক্তকে সত্যদৃষ্টির উচ্চ সোপানে উঠতে দেয় না। স্বার্থপরতা সর্বকালে ভয়ই প্রসব করে, এবং সেই ভয়ই আবার মানবকে দুর্বল থেকে দুর্বলতর করে ফেলে। স্বার্থলাভও আবার মানবমনে অহংকার এবং কখনও কখনও আলস্য বাড়িয়ে তার চক্ষু আবৃত করে, এবং সেজন্য সে যথার্থ সত্য দর্শন করতে পারে না। এইজন্যই শ্রীরামকৃষ্ণদেব তাঁর ভক্তমণ্ডলীর ভিতর যাতে এ দোষ প্রবেশ না করে, সেদিকে বিশেষ লক্ষ রাখতেন। ধ্যানাদির অভ্যাসে কোনো ভক্তের মধ্যে দূরদর্শনাদি কোনো মানসিক শক্তির নতুন বিকাশ হয়েছে জানলেই, পাছে সেই ভক্তের মনে অহংকার প্রবেশলাভ করে তাকে ভগবানলাভের উদ্দেশ্যহারা করে, সেজন্য তিনি তাকে কিছুকাল ধ্যানাদি করতে নিষেধ করতেন, এ বহুবার প্রত্যক্ষ করেছি। এমন বিভূতিসম্পন্ন হওয়াই যে মানবজীবনের উদ্দেশ্য নয়, এ কথা তাঁকে বারবার বলতে শুনেছি। কিন্তু দুর্বল মানব নিজের লাভ-লোকসান না খতিয়ে কিছু করতে বা কাউকে মানতে এগোয় না, এবং ত্যাগের জ্বলন্ত মূর্তি শ্রীরামকৃষ্ণদেবের জীবন থেকে ত্যাগ না শিখে নিজের ভোগসিদ্ধির জন্যই সেই মহৎ জীবন আশ্রয় করে। তাঁর ত্যাগ, তাঁর অলৌকিক তপস্যা, তাঁর অদৃষ্টপূর্ব সত্যানুরাগ, তাঁর বালকের মতো সরলতা এবং নির্ভর—এসব যেন তার ভোগসিদ্ধির জন্য অনুষ্ঠিত হয়েছিল, সে এমনই মনে করে। আমাদের মনুষ্যত্বের অভাবই এমন হওয়ার কারণ, এবং সেইজন্য শ্রীরামকৃষ্ণদেবের মনুষ্যভাবের আলোচনাই আমাদের পক্ষে অশেষ কল্যাণকর।
যথার্থ ভক্তি ভক্তকে উপাস্যের অনুরূপ করবে
যৎকিঞ্চিৎ ভক্তিও যথার্থভাবে অনুষ্ঠিত হলে ভক্তকে উপাস্যের অনুরূপ করে তোলে! সর্বজাতির সর্বধর্মগ্রন্থেই এ কথা প্রসিদ্ধ। ক্রুশারূঢ় ঈশার মূর্তিতে সমাধিস্থ-মন ভক্তের হস্তপদ থেকে রুধির-নির্গমন, শ্রীমতীর বিরহদুঃখের অনুভবে নিমগ্নমন শ্রীচৈতন্যের বিষম গাত্রদাহ এবং কখনও বা মৃতবৎ অবস্থাদি, ধ্যানস্তিমিত বুদ্ধমূর্তির সামনে বৌদ্ধ ভক্তের বহুকাল ধরে নিশ্চেষ্ট হয়ে অবস্থান প্রভৃতি ঘটনাই এর নিদর্শন। প্রত্যক্ষও দেখেছি, কোনো বিশেষ মানুষের প্রতি অর্পিত ভালোবাসা ধীরে ধীরে অজ্ঞাতসারে মানুষকে তার প্রেমাস্পদের অনুরূপ করে তুলেছে; তার বাহ্যিক হাবভাব-চালচলনাদি এবং তার মানসিক চিন্তাপ্রণালীও সমূলে পরিবর্তিত হয়ে প্রেমাস্পদের সারূপ্য লাভ করেছে! শ্রীরামকৃষ্ণ-ভক্তিও তেমনই যদি আমাদের জীবনকে দিন দিন তাঁর জীবনের কিছুটাও অনুরূপ না করে তোলে, তবে বুঝতে হবে যে, সে ভক্তি এবং ভালোবাসা ওই নামের যোগ্য নয়।
প্রশ্ন হতে পারে, তবে কি আমরা সকলেই রামকৃষ্ণ পরমহংস হতে সক্ষম? একজন সম্পূর্ণভাবে অপরের মতো হয়েছে, জগতে কখনও কি এমন দেখা গেছে? উত্তরে আমরা বলি, সম্পূর্ণ একই রকম না হলেও এক ছাঁচে গঠিত পদার্থের মতো নিশ্চয়ই হতে পারে। ধর্মজগতে প্রত্যেক মহাপুরুষের জীবনই এক একটি ভিন্ন ভিন্ন ছাঁচসদৃশ। তাঁদের শিষ্যপরম্পরাও নিজ নিজ ছাঁচে গঠিত হয়ে আজ পর্যন্ত সেই বিভিন্ন ছাঁচগুলি রক্ষা করে আসছে। মানুষ অল্পশক্তি; এসব ছাঁচের কোনো একটির মতো হতে তার আজীবন চেষ্টাতেও কুলোয় না। ভাগ্যক্রমে কেউ কখনও কোনো একটি ছাঁচের যথার্থ অনুরূপ হলে আমরা তাঁকে সিদ্ধ বলে সম্মান করি। সিদ্ধ মানবের চালচলন, ভাষা, চিন্তা প্রভৃতি শারীরিক এবং মানসিক সব বৃত্তিই সেই ছাঁচপ্রবর্তক মহাপুরুষের সদৃশ হয়। সেই মহাপুরুষের জীবনে যে মহাশক্তির প্রথম অভ্যুদয় দেখে জগৎ চমৎকৃত হয়েছিল, সিদ্ধ মানবের দেহমন সেই শক্তির কিছুটা ধারণ, সংরক্ষণ এবং সঞ্চারের পূর্ণাবয়ব যন্ত্রস্বরূপ হয়। এভাবে ভিন্ন ভিন্ন জাতি আবহমানকাল ধরে ভিন্ন ভিন্ন মহাপুরুষ-প্রণোদিত ধর্মশক্তির সংরক্ষণ করে আসছে।
অবতারপুরুষের জীবনালোচনায় কোন কোন অপূর্ব বিষয়ের পরিচয় পাওয়া যায়
ধর্মজগতে যে-সব মহাপুরুষ অদৃষ্টপূর্ব নতুন ছাঁচের জীবন দেখিয়ে যান, তাঁদেরই জগৎ আজ পর্যন্ত ঈশ্বরাবতার বলে পূজা করে আসছে। অবতার ধর্মজগতে নতুন মত, নতুন পথ আবিষ্কার করেন; স্পর্শমাত্রেই অপরের মধ্যে ধর্মশক্তি সঞ্চারিত করেন। তাঁর দৃষ্টি কখনও অনিত্য সংসারে কামকাঞ্চনের কোলাহলের দিকে আকৃষ্ট হয় না। তাঁর জীবন-পর্যালোচনায় বোঝা যায় যে, তিনি অপরকে পথ দেখাবার জন্যই জন্মগ্রহণ করেছেন। নিজের ভোগসাধন বা মুক্তিলাভও তাঁর জীবনের উদ্দেশ্য হয় না। কিন্তু অপরের দুঃখে সহানুভূতি, অপরের উপর গভীর প্রেমই তাঁকে কাজে চালিত করে অপরের দুঃখনিবারণের পথ আবিষ্কারের হেতু হয়।
শ্রীরামকৃষ্ণের দেবকান্তি যতদিন না দেখেছিলাম, ততদিন ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, ঈশা, শঙ্কর, শ্রীচৈতন্য প্রভৃতি অবতার বলে খ্যাত মহাপুরুষদের জীবনবেদ পাঠ করতে একরকম অসমর্থ ছিলাম। তাঁদের জীবনের অলৌকিক ঘটনাবলি দলপুষ্টির জন্য শিষ্যপরম্পরার রচিত প্ররোচনাবাক্য বলে মনে হত; অবতারকে সভ্যজগতের বিশ্বাসবহির্ভূত কিম্ভূত-কিমাকার কাল্পনিক প্রাণিবিশেষ বলেই অনুমান করতাম। অথবা ঈশ্বরের অবতার হওয়া সম্ভব বলে বোধ হলেও সেই সব অবতারমূর্তিতে যে আমাদেরই মতো মনুষ্যভাব বর্তমান, এ কথা বিশ্বাস হত না। তাঁদের শরীরে যে আমাদের মতো রোগাদি হতে পারে, তাঁদের মনে যে আমাদেরই মতো হর্ষশোকাদি বিদ্যমান, তাঁদের ভিতরে যে আমাদেরই মতো প্রবৃত্তির দেবাসুর-সংগ্রাম চলতে পারে, তা ধারণা করতে পারতাম না। শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র স্পর্শেই সে কথার উপলব্ধি হয়েছে। অবতারশরীরে দেব এবং মানুষভাবের অদ্ভুত সম্মিলনের কথা আমরা সকলেই পড়েছি বা শুনেছি, কিন্তু কোনো মানবের মধ্যে যে বালকত্ব এবং কঠোর মনুষ্যত্ব একত্র সামঞ্জস্যে অবস্থান করতে পারে, শ্রীরামকৃষ্ণকে দেখার আগে এ কথা ভাবিনি। অনেকেই বলেন, তাঁর পাঁচ বছরের শিশুর মতো বালকস্বভাবই তাঁদের আকর্ষণ করেছিল। অজ্ঞান বালক সকলেরই প্রেমের আস্পদ, এবং সকলেই তাকে রক্ষা করার জন্য স্বভাবত তৎপর হয়। শ্রীরামকৃষ্ণদেব পূর্ণবয়স্ক হলেও তাঁকে দেখে লোকের মনে সেই ভাবের স্ফূর্তি হত, এবং তা তাঁদের মোহিত ও আকৃষ্ট করত। কথাটি কিছুটা সত্য হলেও আমাদের ধারণা—পরমহংসদেবের শুধু বালকভাবেই যে জনসাধারণ আকৃষ্ট হত তা নয়; বরং হর্ষ ও প্রীতির সঙ্গে দর্শকের মনে সেই সময়ে যুগপৎ শ্রদ্ধা ও ভক্তির উদয় দেখে মনে হয়, কুসুমকোমল বালক-পরিচ্ছদে আবৃত ভিতরের বজ্রকঠোর মনুষ্যত্বই সেই আকর্ষণের কারণ। ভারতের যশস্বী কবি অযোধ্যাধিপতি শ্রীরামচন্দ্রের লোকোত্তর চরিত্র-বর্ণনায় লিখেছেন –
“বজ্রাদপি কঠোরাণি মৃদূনি কুসুমাদপি।
লোকোত্তরাণাং চেতাংসি কো নু বিজ্ঞাতুমর্হতি॥”
সেই কথা শ্রীরামকৃষ্ণদেবের সম্বন্ধেও প্রতি পদে বলা যায়।
শ্রীরামকৃষ্ণদেবের বালকভাব এক অতি অভিনব পদার্থ। অসীম সরলতা, অপার বিশ্বাস, অশেষ সত্যানুরাগ সে বালকের মনে সর্বদা প্রকাশিত থাকলেও বিষয়বুদ্ধিসম্পন্ন মানুষ তাতে কেবল নির্বুদ্ধিতা এবং বিষয়বুদ্ধির অভাবেরই পরিচয় পেত। সব লোকের কথাতেই তাঁর প্রগাঢ় বিশ্বাস, বিশেষত ধর্মলিঙ্গধারীদের কথায়! দেশের এবং নিজের গ্রামের প্রচলিত ভাবগুলিও তাঁর মধ্যে এই অদ্ভুত বালকত্ব পরিস্ফুট করতে বিশেষ সহায়তা করেছিল।
শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুর গ্রাম
শস্যশ্যামল অঙ্গে হরিৎ সমুদ্রের মতো, অথবা শস্যের অভাবে ধূসর মাটির সমুদ্রের মতো ছড়িয়ে থাকা বিস্তীর্ণ বহুযোজনব্যাপী প্রান্তর—তার মধ্যে বাঁশ, বট, খেজুর, আম, অশ্বত্থ প্রভৃতি গাছে ছাওয়া, কৃষককুলের মাটির তৈরি সুপরিচ্ছন্ন, দ্বীপপুঞ্জের মতো শোভমান পর্ণকুটিরের সারি, সুনীল পাতায় ঢাকা উঁচু উঁচু তালগাছের সারিতে ঘেরা, ভ্রমরমুখরিত, পদ্মে ছাওয়া হালদারপুকুর প্রভৃতি নামে খ্যাত বৃহৎ সরোবর, ‘বুড়োশিব’ প্রভৃতি নামের প্রথিতযশ দেবতা-অধিষ্ঠিত, ইটের বা পাথরের তৈরি ছোট ছোট দেবগৃহ, অদূরে পুরোনো গড়মান্দারণ দুর্গের ভগ্নস্তূপের সারি; প্রান্তে ও পাশে অস্থিতে ভরা বহুপ্রাচীন শ্মশান, ঘাসে ঢাকা গোচরভূমি, নিবিড় আম্রকানন, এঁকেবেঁকে বয়ে চলা ভূতির খাল নামে খ্যাত ছোট জলধারা, এবং সমগ্র গ্রামের অর্ধেকেরও বেশি ঘিরে থাকা, বর্ধমান থেকে পুরীধামে যাওয়ার যাত্রীতে ভরা সুদীর্ঘ রাজপথ—এই হল শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর।
বালক রামকৃষ্ণের বিচিত্র কার্যকলাপ
শ্রীচৈতন্য এবং তাঁর শিষ্যদের প্রচলিত বৈষ্ণবধর্মই এখানে প্রবল। কৃষক-প্রজারা তাদের পরিশ্রমের সঙ্গে সঙ্গে, অথবা দিনের শেষে কাজ ফুরোলে, তাঁদেরই রচিত পদাবলি গেয়ে আনন্দে বিভোর হয়ে শ্রান্তি দূর করে। সরল পদ্যময় বিশ্বাসই এ ধর্মের মূলে, এবং জীবন-সংগ্রামের কঠোর তরঙ্গ থেকে সুদূরে অবস্থিত এই গ্রামের মতো বালকের হৃদয়ও এমন বিশ্বাস এবং ধর্মের বিশেষ অনুকূল ভূমি। বালক রামকৃষ্ণের বালকত্ব কিন্তু এখানেও অদ্ভুত বলে পরিগণিত হয়েছিল। তার বিচিত্র কাজকর্ম দেখে না হোক, উদ্দেশ্যের গভীরতা এবং একতানতা দেখে সকলে অবাক হত। ‘রামনামে মানব নির্মল হয়’—কথকের মুখে এ কথা শুনে কখনও বা এ বালক দুঃখিত মনে জল্পনা করত—তবে কথকঠাকুরের এখনও শৌচের দরকার হয় কেন? কখনও বা একবারমাত্র যাত্রাদি শুনে সেটির সব অংশ আয়ত্ত করে বন্ধুদের নিয়ে আম্রকাননে আবার তার অভিনয় করত! বালকের সেই অদ্ভুত অভিনয় ও সংগীত শুনে অন্য গ্রামে চলেছে এমন পথিক মুগ্ধ হয়ে গন্তব্য পথে যেতে ভুলে যেত! প্রতিমাগঠন, দেবচিত্রাদি আঁকা, অন্যের হাবভাব অনুকরণ, সংগীত, সংকীর্তন, রামায়ণ, মহাভারত এবং ভাগবতাদি শাস্ত্র শুনে আয়ত্ত করা, এবং প্রাকৃতিক সৌন্দর্যের গভীর অনুভবে এ বালকের বিশেষ নৈপুণ্য প্রকাশ পেত। তাঁর শ্রীমুখে শুনেছি যে, কালো মেঘে ঢাকা আকাশে উড়ে চলা ধবল বলাকার সারি দেখেই তিনি প্রথম সমাধিস্থ হন; তাঁর বয়স তখন ছয়-সাত বছর মাত্র!
যখন যে ভাব হৃদয়ে আসত, সেই ভাবে তন্ময় হওয়াই এ বালক-মনের বিশেষ লক্ষণ ছিল। প্রতিবেশীরা এখনও এক বণিকের বাড়ির উঠোন দেখিয়ে গল্প করে, কীভাবে একদিন সেখানে হরপার্বতী-সংবাদের অভিনয়ের সময় অভিনেতা হঠাৎ অসুস্থ হয়ে অপারগ হলে রামকৃষ্ণকে সকলে অনুরোধ করে শিব সাজিয়ে অভিনয় করাবার চেষ্টা করল; কিন্তু তিনি সেই সাজে সজ্জিত হয়ে সেই ভাবে এমনই মগ্ন হয়েছিলেন যে, বহুক্ষণ পর্যন্ত তাঁর বাহ্য সংজ্ঞামাত্র ছিল না! এইসব ঘটনায় স্পষ্টই দেখা যায় যে, বালক হলেও বালকের চিত্তচাঞ্চল্য তাকে আশ্রয় করেনি। চোখে দেখে বা কানে শুনে কোনো বিষয়ে আকৃষ্ট হলেই তার ছবি তাঁর মনে এমন সুদৃঢ়ভাবে অঙ্কিত হত যে, সেই প্রেরণায় তা সম্পূর্ণ আয়ত্ত করে অভিনব রূপে আবার প্রকাশ না করে স্থির থাকা এ বালকের পক্ষে অসম্ভব ছিল।
তাঁর সত্যান্বেষণ
গ্রন্থাদি না পড়লেও বাহ্যজগতের সংঘর্ষে এ বালকের ইন্দ্রিয়গুলি অল্পদিনেই সমুচিতভাবে প্রস্ফুটিত হয়েছিল। যা সত্য, প্রমাণপ্রয়োগ দিয়ে তা বুঝে নেব—যা শিখব, তা কাজে প্রয়োগ করব—এবং অসত্য না হলে জগতের কোনো বস্তুকেই ঘৃণার চোখে দেখব না, এই ছিল এ বালক-মনের মূল মন্ত্র। যৌবনের প্রথম উদ্গম—অদ্ভুত-মেধাসম্পন্ন বালক রামকৃষ্ণকে শিক্ষার জন্য টোলে পাঠানো হল, কিন্তু বালকত্ব সাঙ্গ হল না। সে ভাবল, এ কঠোর অধ্যয়ন, রাত জাগা, টীকাকারের চর্বিতচর্বণ প্রভৃতি কীসের জন্য? এতে কি বস্তুলাভ হবে? মন টোলের আচার্যকে, এমন অধ্যবসায়ের পূর্ণ ফলকে, দেখিয়ে বলল, তুমিও সরল শব্দের কুটিল অর্থ করতে ওইরকম সুপটু হবে, তুমিও ওর মতো ধনী লোকের তোষামোদ করে বিদায়াদি সংগ্রহ করে কোনোমতে সংসারযাত্রা নির্বাহ করবে; তুমিও শাস্ত্রে নিবদ্ধ সত্যগুলি ওইরকম পড়বে এবং পড়াবে, কিন্তু চন্দনভারবাহী গাধার মতো সেগুলি জীবনে অনুভব করতে পারবে না। বিচারবুদ্ধি বলল, এই চালকলা-বাঁধা বিদ্যার প্রয়োজন নেই। যাতে মানবজীবনের গূঢ় রহস্য সম্বন্ধে সম্পূর্ণ সত্য অনুভব করতে পারো, সেই পরাবিদ্যার সন্ধান করো। রামকৃষ্ণ পাঠ ছাড়লেন এবং আনন্দ-প্রতিমা দেবীমূর্তির পূজাকার্যে সম্পূর্ণ মনোনিবেশ করলেন; কিন্তু এখানেও শান্তি কোথায়? মন বলল, সত্যিই কি ইনি আনন্দঘনমূর্তি জগজ্জননী, না পাষাণপ্রতিমা মাত্র? সত্যিই কি ইনি ভক্তি-সমাহৃত পত্রপুষ্পফলমূলাদি গ্রহণ করেন? সত্যিই কি মানব এঁর কৃপাকটাক্ষ পেয়ে সর্বপ্রকার বন্ধনমুক্ত হয়ে দিব্যদর্শন লাভ করে? —অথবা, মানবমনের বহুকালসঞ্চিত কুসংস্কাররাশি কল্পনার সাহায্যে দৃঢ়নিবদ্ধ হয়ে ছায়াময়ী মূর্তি পরিগ্রহ করেছে, এবং মানব এভাবে আবহমানকাল ধরে নিজেই নিজেকে প্রতারিত করে আসছে? প্রাণ এ সন্দেহ নিরসনের জন্য ব্যাকুল হয়ে উঠল, এবং তীব্র বৈরাগ্যের অঙ্কুর বালকমনে ধীরে ধীরে উদ্গত হল। বিবাহ হল, কিন্তু সেই প্রশ্নের মীমাংসা না করে সাংসারিক সুখভোগ তাঁর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াল। প্রতিদিন নানা উপায়ে মন এই প্রশ্নের সমাধানেই লেগে রইল, এবং বিবাহ, সংসার, বিষয়বুদ্ধি, উপার্জন, ভোগসুখ এবং আবশ্যকীয় আহার-বিহারাদি পর্যন্ত নিতান্ত নিষ্প্রয়োজন স্মৃতিমাত্রে পর্যবসিত হল। সুদূর কামারপুকুরে যে বালকত্ব বিষয়বুদ্ধির পরিহাসের বিষয় হয়েছিল, শ্রীরামকৃষ্ণের সেই বালকত্বই দক্ষিণেশ্বর দেবমন্দিরে পূর্ণ প্রস্ফুটিত হয়ে সেই বিষয়বুদ্ধির চোখে আরও বেশি উপেক্ষণীয় বাতুলতা বলে পরিগণিত হল। কিন্তু এ বাতুলতায় উদ্দেশ্যহীনতা বা অসম্বদ্ধতা কোথায়? ইন্দ্রিয়াতীত পদার্থকে সাক্ষাৎ সম্বন্ধে জানব, স্পর্শ করব, পূর্ণভাবে আস্বাদন করব—এই কি এর বিশেষ লক্ষণ নয়? যে লৌহময়ী ধারণা, অপরাজিত অধ্যবসায় এবং উদ্দেশ্যের ঋজুতা ও একতানতা কামারপুকুরে বালক রামকৃষ্ণের বালকত্বে অভিনব শ্রী দিয়েছিল, তা-ই এখন আপাতদৃষ্টিতে বাতুল রামকৃষ্ণের বাতুলত্বকে এক অদ্ভুত অদৃষ্টপূর্ব ব্যাপার করে তুলল।
বারো বছর ধরে প্রবল মানসঝটিকা বইতে লাগল। অন্তঃপ্রকৃতির সেই ভীষণ সংগ্রামে অবিশ্বাস, সন্দেহ প্রভৃতির তুমুল তরঙ্গাঘাতে শ্রীরামকৃষ্ণের জীবনতরীর অস্তিত্বও তখন সন্দেহের বিষয় হয়ে উঠল। কিন্তু সে বীরহৃদয় আসন্ন মৃত্যুর সামনেও কম্পিত হল না, গন্তব্য পথ ছাড়ল না—ভগবদনুরাগ ও বিশ্বাসের সাহায্যে ধীরস্থিরভাবে নিজের পথে অগ্রসর হল। সংসারের কামকাঞ্চনময় কোলাহল এবং লোকে যাকে ভালোমন্দ, ধর্মাধর্ম, পাপপুণ্যাদি বলে—সেসব কত দূরে পড়ে রইল—ভাবের প্রবল তরঙ্গ উজানপথে ঊর্ধ্বে ছুটতে লাগল! সেই প্রবল তপস্যা, সেই অনন্ত ভাবরাশির গভীর উচ্ছ্বাসে শ্রীরামকৃষ্ণের মহাবলিষ্ঠ দেহ ও মন চূর্ণবিচূর্ণ হয়ে নতুন আকার, নতুন শ্রী ধারণ করল! এভাবে মহাসত্য, মহাভাব, মহাশক্তি ধারণ ও সঞ্চারের সম্পূর্ণাবয়ব যন্ত্র গঠিত হল।
সেই সত্যান্বেষণের ফল
হে মানব! শ্রীরামকৃষ্ণের এ অদ্ভুত বীরত্বকাহিনি তুমি কি হৃদয়ঙ্গম করতে পারবে? তোমার স্থূল দৃষ্টিতে পরিমাণ ও সংখ্যাধিক্য ধরেই পদার্থের গুরুত্ব বা লঘুত্ব গ্রাহ্য হয়। কিন্তু যে সূক্ষ্ম শক্তি, স্বার্থগন্ধ পর্যন্ত বিদূরিত করে অহংকারকে সমূলে উৎপাটিত করে, যার বলে ইচ্ছা করলেও সামান্যতম স্বার্থচেষ্টা শরীর-মনের পক্ষে অসম্ভব হয়ে ওঠে, সে শক্তির পরিচয় তুমি কোথায় পাবে? জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ধাতু ছোঁয়ামাত্রই শ্রীরামকৃষ্ণের হাত আড়ষ্ট হয়ে সেই ধাতু নিতে পারত না; পাতা, ফুল প্রভৃতি তুচ্ছ জিনিস জেনে বা না জেনে মালিকের অনুমতি ছাড়া নিলে রোজকার অভ্যস্ত পথ দিয়ে আসতে আসতে তিনি পথ হারিয়ে উল্টো দিকে চলে যেতেন; গিঁট দিলে সে গিঁট যতক্ষণ না খুলতেন, ততক্ষণ তাঁর শ্বাস রুদ্ধ থাকত—বহু চেষ্টাতেও বেরোত না; সুকোমল রমণীস্পর্শে কচ্ছপের মতো তাঁর ইন্দ্রিয়সংকোচাদি হত! —এসব শারীরিক বিকার যে পবিত্রতম মানসিক ভাবগুলির বাহ্য অভিব্যক্তি, আজন্ম স্বার্থদৃষ্টিপটু মানব-নয়ন সেগুলির দর্শন কোথায় পাবে? আমাদের দূরপ্রসারী কল্পনাও কি এ শুদ্ধতম ভাবরাজ্যে প্রবেশাধিকার পায়? ‘ভাবের ঘরে চুরি’ করতেই আমরা আজীবন শিখেছি। সত্য গোপন করে কোনোমতে ফাঁকি দিয়ে বড়লোক হতে পারলে বা নাম কিনতে পারলে আমাদের মধ্যে কজন পিছপা হয়? তারপর সাহস। একবার আঘাত পেয়ে দশবার আঘাত করা, অথবা অগ্নি-উদ্গারী তোপের সামনে ছুটে গিয়ে স্বার্থসিদ্ধির জন্য প্রাণবিসর্জন, এ সাহস করতে না পারলেও শুনে আমাদের প্রীতির উদ্দীপন হয়, কিন্তু যে সাহসে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেব পৃথিবী ও স্বর্গের ভোগসুখ এবং নিজের শরীর ও মন পর্যন্ত, জগতের অপরিচিত অজ্ঞাত অনুপলব্ধ ইন্দ্রিয়াতীত পদার্থের জন্য ত্যাগ করেছিলেন, সে সাহসের সামান্য ছায়ামাত্রও কি আমরা অনুভব করতে সমর্থ? যদি পারো, তবে হে বীর শ্রোতা, তুমি আমার এবং সকলের পূজনীয় মৃত্যুঞ্জয়ত্ব লাভ করেছ।
শ্রীরামকৃষ্ণদেবের সামান্য কথার গভীর অর্থ
শ্রীরামকৃষ্ণদেবের অতি তুচ্ছ কথাগুলি বা অতি ক্ষুদ্র কাজগুলিও কী গভীর ভাবে পূর্ণ থাকত, তা স্বয়ং না বোঝালে কারও বোঝার সাধ্য ছিল না। সমাধিভঙ্গের পরেই অনেক সময়ে তিনি যে নিত্যপরিচিত বস্তু বা ব্যক্তির নাম উল্লেখ করতেন ও তাদের স্পর্শ করতেন, অথবা কোনো বিশেষ খাদ্যদ্রব্যের উল্লেখ করে তা খাবেন বা পান করবেন বলতেন, তার গূঢ় রহস্য একদিন আমাদের বুঝিয়েছিলেন। বলেছিলেন, “সাধারণ মানবের মন গুহ্য, লিঙ্গ এবং নাভি-সমাশ্রিত সূক্ষ্ম স্নায়ুচক্রেই বিচরণ করে। একটু শুদ্ধ হলে সেই মন কখনও কখনও হৃদয়-সমাশ্রিত চক্রে উঠে জ্যোতি বা জ্যোতির্ময় রূপাদির দর্শনে অল্প আনন্দ পায়। নিষ্ঠার একতানতা বিশেষ অভ্যস্ত হলে মন কণ্ঠ-সমাশ্রিত চক্রে ওঠে, এবং তখন যে বস্তুতে সম্পন্ননিষ্ঠ হয়েছে তার কথা ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা তার পক্ষে প্রায় অসম্ভব হয়। এখানে উঠলেও সে মন নিচের চক্রগুলিতে আবার নেমে গিয়ে সেই নিষ্ঠা একেবারে ভুলেও যেতে পারে। কিন্তু যদি কখনও কোনো প্রকারে প্রবল একনিষ্ঠার সাহায্যে সে মন কণ্ঠের ঊর্ধ্বে ভ্রূমধ্যে অবস্থিত চক্রে যায়, তখন সমাধিস্থ হয়ে সে যে আনন্দ অনুভব করে, তার কাছে নিচের চক্রগুলির বিষয়ানন্দ-উপভোগ তুচ্ছ বলে মনে হয়; এখান থেকে আর তার পতনের আশঙ্কা থাকে না। এখান থেকেই সামান্য একটু আবরণে আবৃত পরমাত্মার জ্যোতি তাঁর সামনে প্রকাশিত হয়। পরমাত্মার সঙ্গে সামান্য ভেদ রয়ে গেলেও এখানে উঠলেই অদ্বৈতজ্ঞানের বিশেষ আভাস পাওয়া যায়, এবং এই চক্র ভেদ করতে পারলেই ভেদাভেদজ্ঞান সম্পূর্ণভাবে বিগলিত হয়ে পূর্ণ অদ্বৈতজ্ঞানে অবস্থান হয়। আমার মন তোদের শিক্ষার জন্য কণ্ঠাশ্রিত চক্র পর্যন্ত নামে, এখানেও একে কোনোমতে জোর করে রাখতে হয়। ছয় মাস ধরে পূর্ণ অদ্বৈতজ্ঞানে অবস্থান করেছিল বলে এর গতি স্বভাবতই সেই দিকে প্রবাহিত রয়েছে। এটা করব, ওটা খাব, একে দেখব, ওখানে যাব ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র বাসনাতে নিবদ্ধ না রাখলে একে নামানো বড় কঠিন হয়ে পড়ে, আর না নামলে কথাবার্তা, চলাফেরা, খাওয়া ও শরীর রক্ষা ইত্যাদি সবই অসম্ভব। সেইজন্যই সমাধিতে ওঠার সময়েই আমি কোনো না কোনো একটা ক্ষুদ্র বাসনা, যেমন—তামাক খাব বা ওখানে যাব ইত্যাদি করে রাখি, তবুও অনেক সময়ে সেই বাসনা বারবার উল্লেখ করলে তবে মন এইটুকু নেমে আসে।”
দৈনন্দিন জীবনে তাঁর মধ্যে যে-সব বিষয়ের পরিচয় পাওয়া যেত
পঞ্চদশীকার এক জায়গায় বলেছেন, সমাধিলাভের আগে মানব যে অবস্থায় যে ভাবে থাকে, সমাধিলাভের পরে সমধিক শক্তিসম্পন্ন হয়েও নিজের সেই অবস্থা পরিবর্তন করতে তার অভিরুচি হয় না। কেননা, ব্রহ্মবস্তু ছাড়া আর সব বস্তু বা অবস্থাই তার কাছে অতি তুচ্ছ বলে মনে হয়। সেই প্রবল ধর্মানুরাগ প্রবাহিত হওয়ার আগে শ্রীরামকৃষ্ণের জীবন যেভাবে চালিত হত, তার কিছু কিছু নিদর্শন দক্ষিণেশ্বরে তাঁর দৈনন্দিন ক্ষুদ্র ক্ষুদ্র কাজে পাওয়া যেত। তার দু-চারটির উল্লেখ করা এখানে অযুক্তিকর হবে না।
শরীর, কাপড়, বিছানা প্রভৃতি অতি পরিষ্কার রাখা তাঁর অভ্যাস ছিল। যে জিনিসটি যেখানে রাখা উচিত, সে জিনিসটি ঠিক সেখানে নিজে রাখতে এবং অন্যকেও রাখতে শেখাতে ভালোবাসতেন, কেউ অন্যরকম করলে বিরক্ত হতেন। কোথাও যেতে হলে গামছা, বেটুয়া প্রভৃতি সমস্ত জিনিসপত্র ঠিক ঠিক নেওয়া হয়েছে কি না, তার খোঁজ করতেন, এবং সেখান থেকে ফেরার সময়েও কোনো জিনিস নিয়ে আসতে ভুল না হয়, সেজন্য সঙ্গী শিষ্যকে মনে করিয়ে দিতেন। যে সময় যে কাজ করব বলতেন, তা ঠিক সেই সময়ে করার জন্য ব্যস্ত হতেন। যার হাত থেকে যে জিনিস নেব বলেছেন, মিথ্যা বলা হবে এই ভয়ে সে ছাড়া অন্য কারও হাত থেকে সেই জিনিস কখনও নিতেন না। তাতে যদি দীর্ঘকাল অসুবিধা ভোগ করতে হত, তাও মেনে নিতেন। ছেঁড়া কাপড়, ছাতা বা জুতো প্রভৃতি কাউকে ব্যবহার করতে দেখলে, সামর্থ্য থাকলে নতুন কিনতে উপদেশ দিতেন, আর সামর্থ্য না থাকলে কখনও কখনও নিজেও কিনে দিতেন। বলতেন, ওরকম কাপড়চোপড় ব্যবহার করলে মানুষ লক্ষ্মীছাড়া ও হতশ্রী হয়। অভিমান-অহংকারসূচক বাক্য তাঁর মুখপদ্ম থেকে বিনিঃসৃত হওয়া একেবারে অসম্ভব ছিল। নিজের ভাব বা মত বলতে হলে নিজের শরীর দেখিয়ে ‘এখানকার ভাব’, ‘এখানকার মত’ ইত্যাদি শব্দ প্রয়োগ করতেন। শিষ্যবর্গের হাত পা চোখ মুখ প্রভৃতি শারীরিক সব অঙ্গের গঠন এবং তাদের চাল-চলন আহার-বিহার নিদ্রা প্রভৃতি কার্যকলাপ তন্ন তন্ন করে লক্ষ করে তাদের মানসিক প্রবৃত্তিগুলির গতি, কোন প্রবৃত্তির কতটা আধিক্য ইত্যাদি এমনভাবে স্থির করতে পারতেন যে, তার ব্যতিক্রম এ পর্যন্ত আমরা দেখতে পাইনি।
অনেকে বলেন যে, শ্রীরামকৃষ্ণদেবের কাছে যাঁরা গিয়েছিলেন, তাঁদের প্রত্যেকেই মনে করেন যে, শ্রীরামকৃষ্ণদেব তাঁকেই সবচেয়ে ভালোবাসতেন। আমাদের বোধ হয়, প্রত্যেক ব্যক্তির সুখ-দুঃখাদি জীবনানুভবের সঙ্গে তাঁর যে প্রগাঢ় সহানুভূতি ছিল, তা-ই এর কারণ। সহানুভূতি ও ভালোবাসা বা প্রেম দুটি বিভিন্ন বস্তু হলেও শেষেরটির বাহ্যিক লক্ষণ প্রথমটির থেকে বিশেষ আলাদা নয়। সেইজন্য সহানুভূতিকে প্রেম বলে ভাবা বিশেষ বিচিত্র নয়। প্রত্যেক বস্তু ভাবার সময় তাতে তন্ময় হওয়া তাঁর মনের স্বভাবসিদ্ধ গুণ ছিল। এই গুণ ছিল বলেই তিনি প্রত্যেক শিষ্যের মনের অবস্থা ঠিক ঠিক ধরতে পারতেন, এবং সেই চিত্তের উন্নতির জন্য যা আবশ্যক, তাও ঠিক ঠিক বিধান করতে পারতেন। শ্রীরামকৃষ্ণদেবের বালকত্ব-বর্ণনা প্রসঙ্গে আমরা আগেই দেখাতে চেষ্টা করেছি, শৈশবকাল থেকে তিনি নিজের চোখ প্রভৃতি ইন্দ্রিয়কে কত সম্পূর্ণভাবে ব্যবহার করতে শিখেছিলেন; সেই শিক্ষাই যে পরে মানুষের চরিত্রগঠনে তাঁর বিশেষ সহায় হয়েছিল, তাতে সন্দেহ নেই। শিষ্যবর্গও যাতে সব জায়গায় সব বিষয়ে এভাবে ইন্দ্রিয়াদির ব্যবহার করতে শেখে, সেদিকে তাঁর বিশেষ লক্ষ ছিল। প্রত্যেক কাজই বিচারবুদ্ধি অবলম্বন করে সম্পন্ন করতে নিত্য উপদেশ দিতেন। বিচারবুদ্ধিই বস্তুর গুণাগুণ প্রকাশ করে মনকে যথার্থ ত্যাগের দিকে অগ্রসর করাবে, এ কথা তাঁকে বারবার বলতে শুনেছি। বুদ্ধিহীনের অথবা একদেশী বুদ্ধিমানের আদর তাঁর কাছে কখনোই ছিল না। সকলেই তাঁকে বলতে শুনেছে, “ভগবদ্ভক্ত হবি বলে বোকা হবি কেন?” অথবা “একঘেয়ে হসনি, একঘেয়ে হওয়া এখানকার ভাব নয়, এখানে ঝোলেও খাব, ঝালেও খাব, অম্বলেও খাব—এই ভাব।” একদেশী বুদ্ধিকেই তিনি একঘেয়ে বুদ্ধি বা একঘেয়ে ভাব বলতেন। “তুই তো বড় একঘেয়ে”—ভগবদ্ভাবের বিশেষ কোনোটিতে কোনো শিষ্য আনন্দ পেতে না পারলে এই কথাগুলিই তাঁর বিশেষ তিরস্কারবাক্য ছিল। সেই তিরস্কারবাক্য এমনভাবে বলতেন যে, তাতে শিষ্যকে লজ্জায় মাটি হয়ে যেতে হত। এই উদার সার্বজনীন ভাবের প্রেরণাতেই যে তিনি সকল ধর্মমতের সর্বপ্রকার ভাবের সাধনে প্রবৃত্ত হয়ে ‘যত মত তত পথ’ এই সত্য নিরূপণ করতে সমর্থ হয়েছিলেন, তাতে আর সন্দেহ নেই।
শ্রীরামকৃষ্ণদেবের ধর্মপ্রচার কীভাবে কতটা হয়েছে ও পরে হবে
ফুল ফুটল। দেশদেশান্তরের মধুপকুল মধুলোভে উন্মত্ত হয়ে চারদিক থেকে ছুটে এল। রবিকরস্পর্শে নিজের হৃদয় সম্পূর্ণ অনাবৃত করে ফুল্লকমল তাদের পূর্ণভাবে পরিতৃপ্ত করতে কৃপণতা করল না। পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শ যাঁর একেবারেই ছিল না, কুসংস্কার বলে খ্যাত ভারত-প্রচলিত ধর্মভাবে যাঁর জীবন গঠিত, সেই শ্রীরামকৃষ্ণ যে ধর্মমধু আজ জগৎকে দান করলেন, তার অমৃত-আস্বাদ জগৎ আগে আর কখনও কি পেয়েছে? যে মহান ধর্মশক্তি তিনি সঞ্চিত করে শিষ্যবর্গের মধ্যে সঞ্চারিত করেছেন, যার প্রবল উচ্ছ্বাসে বিংশ শতাব্দীর বিজ্ঞানালোকেও লোকে ধর্মকে জ্বলন্ত প্রত্যক্ষের বিষয় বলে উপলব্ধি করছে এবং সর্বধর্মমতের অন্তরে এক অপরিবর্তনীয় জীবন্ত সনাতনধর্ম-স্রোত প্রবাহিত হতে দেখছে—সে শক্তির অভিনয় জগৎ আগে আর কখনও কি অনুভব করেছে? পুষ্প থেকে পুষ্পান্তরে বায়ুসঞ্চরণের মতো সত্য থেকে সত্যান্তরে সঞ্চরণ করে মনুষ্যজীবন ক্রমশ ধীরপদে এক অপরিবর্তনীয় অদ্বৈত সত্যের দিকে চলেছে, এবং একদিন না একদিন নিশ্চয়ই সেই অনন্ত অপার অবাঙ্মনসোগোচর সত্য উপলব্ধি করে পূর্ণকাম হবে—এ অভয়বাণী মনুষ্যলোকে আগে আর কখনও কি উচ্চারিত হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শঙ্কর, রামানুজ, শ্রীচৈতন্য প্রভৃতি ভারতের, এবং ঈশা, মহম্মদ প্রভৃতি ভারত ছাড়া অন্য দেশের, ধর্মাচার্যেরা ধর্মজগতের যে একদেশী ভাব দূর করতে সমর্থ হননি, নিরক্ষর ব্রাহ্মণবালক নিজের জীবনে সম্পূর্ণভাবে সেই ভাব বিনষ্ট করে বিপরীত ধর্মমতগুলির প্রকৃত সমন্বয় ঘটিয়ে অসাধ্যসাধন করতে সমর্থ হল—এ চিত্র আর কখনও কেউ কি দেখেছে? হে মানব, ধর্মজগতে শ্রীরামকৃষ্ণদেবের উচ্চাসন যে কোথায় প্রতিষ্ঠিত, তা নির্ণয় করতে যদি সক্ষম হয়ে থাকো তো বলো, আমরা কিন্তু সে সাহস করতে পারলাম না, তবে এইমাত্র বলতে পারি যে, নির্জীব ভারত তাঁর পদস্পর্শে সমধিক পবিত্র ও জাগ্রত হয়েছে এবং জগতের গৌরব ও আশার স্থল অধিকার করেছে—তিনি মনুষ্যমূর্তি পরিগ্রহ করেছিলেন বলে নরও দেবকুলের পূজ্য হয়েছে, এবং যে শক্তির উদ্বোধন তিনি করেছেন, তার বিচিত্র লীলাভিনয়ের কেবল আরম্ভমাত্রই শ্রীবিবেকানন্দের মধ্যে জগৎ অনুভব করেছে!
শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গে গুরুভাবপর্বে উত্তরার্ধ সম্পূর্ণ
নিবেদন
‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ’-এর পঞ্চম খণ্ড প্রকাশিত হল। ব্রাহ্মভক্তদের সঙ্গে ঠাকুরের প্রথম পরিচয় থেকে আরম্ভ করে গলরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কলিকাতায় এসে শ্যামপুকুরে থাকা পর্যন্ত, এই সময়ের মধ্যে তাঁর জীবনের ঘটনাবলি এতে যথাসম্ভব সন্নিবেশিত হয়েছে। ঠাকুর এই সময়ে নিরন্তর দিব্যভাবারূঢ় থেকে প্রত্যেক ব্যক্তির সঙ্গে ব্যবহার ও প্রতিটি কাজ করতেন। আবার, এই সময় থেকে তাঁর অবশিষ্ট জীবনকাল শ্রীযুক্ত নরেন্দ্রের (স্বামী বিবেকানন্দের) জীবনের সঙ্গে এমন মধুর সম্বন্ধে চিরকালের জন্য মিলিত হয়েছিল যে, ঠাকুরের সেই জীবনের কথা আলোচনা করতে গেলে সঙ্গে সঙ্গে নরেন্দ্রের জীবন-কথা এসে পড়ে। সুতরাং বর্তমান গ্রন্থখানিকে “ঠাকুরের দিব্যভাব ও নরেন্দ্রনাথ” নামে অভিহিত করাই আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে।
ঠাকুরের জীবন-লীলা-প্রসঙ্গ যখন প্রথম লিপিবদ্ধ করতে আরম্ভ করি তখন আমরা এতদূর অগ্রসর হতে পারব, এ কথা কল্পনায় আনতে পারিনি। কিন্তু তাঁর অচিন্ত্য কৃপায় তাও সম্ভবপর হল! অতএব তাঁর শ্রীপাদপদ্মে বারংবার প্রণাম করে আমরা গ্রন্থখানি পাঠকের সামনে উপস্থিত করলাম। ইতি –
বিনীত –
গ্রন্থকার
শুক্লা দ্বিতীয়া
২০ ফাল্গুন, ১৩২৫ সাল
প্রকাশকের নিবেদন
শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ, পঞ্চম খণ্ডের চতুর্থ সংস্করণ প্রকাশিত হল। শ্রীশ্রীঠাকুরের কাশীপুর-উদ্যানে থাকাকালীন ঘটনাবলির কিছু অংশ ১৩২৬ সালে ‘উদ্বোধন’-এর শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন-সংখ্যায় প্রকাশিত হয়েছিল, কিন্তু এতদিন কোনো বইয়ে সন্নিবেশিত হয়নি। এই সংস্করণে বইয়ের শেষাংশে পরিশিষ্ট হিসেবে সেগুলি সংযোজিত হল। ইতি –
বিনীত –
প্রকাশক
১৩ আশ্বিন,
১৩৪২ সন
দিব্যভাবের বিশেষ প্রকাশ ঠাকুরের জীবনে কতকাল ছিল—তার নির্ণয়
৺ষোড়শীপূজার অনুষ্ঠান করে ঠাকুর নিজের সাধন-যজ্ঞ সম্পূর্ণ করেছিলেন, এ কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। সেই পূজা সন ১২৮০ সালে, ইংরেজি ১৮৭৩ খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল। অতএব এই সময় থেকে তিনি দিব্যভাবের প্রেরণায় জীবনের সব কাজ করতেন, এ কথা বললে অসংগত হবে না। ঠাকুরের বয়স তখন ছিল আটত্রিশ বছর। সুতরাং ঊনচল্লিশ বছর বয়স থেকে আরম্ভ করে বারো বছরের কিছু বেশি সময় ধরে তাঁর জীবনে সেই ভাব নিরন্তর প্রবাহিত ছিল। শ্রীশ্রীজগদম্বার ইচ্ছায় তাঁর কার্যকলাপ এই সময়ে অদৃষ্টপূর্ব অভিনব আকার ধারণ করেছিল। তার প্রেরণায় তিনি এবার বর্তমান যুগের পাশ্চাত্য-শিক্ষাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে ধর্ম-সংস্থাপনে মনোনিবেশ করলেন। অতএব বোঝা যাচ্ছে, পূর্ণ বারো বছরের তপস্যার শেষে ঠাকুর নিজের শক্তির এবং জনসাধারণের আধ্যাত্মিক অবস্থার সঙ্গে পরিচিত হতে ছয় বছর কাটিয়েছিলেন; পরে, ইহকালসর্বস্ব পাশ্চাত্য ভাবসমূহের প্রবল প্রেরণায় ভারতে যে ধর্মগ্লানি দেখা দিয়েছিল, তার নিবারণ ও সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষভাবে ব্রতী হয়ে বারো বছরের শেষে সেই ব্রতের উদ্যাপন করে সংসার থেকে অবসরগ্রহণ করেছিলেন। সেই কাজ তিনি যেভাবে সম্পন্ন করেছিলেন, এখন আমরা যথাসাধ্য তা-ই লিপিবদ্ধ করতে শুরু করব।
ঠাকুরের জীবনের শেষ বারো বছরে সেই ভাবের বিশেষ প্রকাশ কেন বলা যায়
পাঠক হয়তো আমাদের এই কথা থেকে সিদ্ধান্ত করবেন যে, ঊনচল্লিশ বছর বয়স পর্যন্ত ঠাকুর সাধকের ভাবেই ছিলেন; তা নয়। ‘গুরুভাব’-শীর্ষক গ্রন্থে আমরা ইতিপূর্বে বোঝাবার প্রয়াস পেয়েছি যে, গুরু, নেতা বা ধর্মসংস্থাপকের পদবি স্বভাবত গ্রহণ করে যাঁরা মানবের হিতসাধন করে চিরকালের জন্য জগতে পূজ্য হয়েছেন, বাল্যকাল থেকেই তাঁদের জীবনে সেই সব গুণের স্ফূর্তি দেখা যায়। সেইজন্য ঠাকুরের জীবনে বাল্যকাল থেকে আমরা এইসব ভাবের পরিচয় পাই—যৌবনে, সাধনকালে সেগুলির প্রেরণায় তিনি অনেক কাজ সম্পন্ন করেছেন, এ কথা বুঝতে পারি—এবং সাধনাবস্থার অবসানে, তাঁর বত্রিশ বছর বয়সে শ্রীযুত মথুরের সঙ্গে তীর্থপর্যটনের সময়ে এবং পরে, সেগুলির সাহায্যে প্রায় সব কাজ করছেন, তা দেখতে পাই। অতএব সন ১২৮১ সাল থেকে তাঁর মধ্যে দিব্যভাবের প্রকাশ এবং ধর্মসংস্থাপনকার্যে তাঁর মনোনিবেশ—এ কথা যে এখানে বলছি, তার কারণ, এই সময় থেকে তিনি দিব্যভাবের নিরন্তর প্রেরণায়, পাশ্চাত্যের জড়বাদ ও জড়বিজ্ঞানমূলক যে শিক্ষা ও সভ্যতা ভারতে প্রবেশ করে ভারত-ভারতীকে প্রতিদিন বিপরীত-ভাবাপন্ন করে সনাতন ধর্মমার্গ থেকে দূরে নিয়ে যাচ্ছিল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ইংরেজি শিক্ষাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে ধর্মের প্রতিষ্ঠার জন্য সর্বদা নিযুক্ত থেকে, জনসাধারণের জীবন ধন্য করেছিলেন।
দিব্যভাবের সাহায্যে ঠাকুর পাশ্চাত্য ভাব-বন্যার গ্লানি থেকে ভারতকে মুক্ত করেছেন
এমন করার যে বিশেষ প্রয়োজন দেখা দিয়েছিল, এ কথা বলতে হবে না। ঈশ্বরকৃপায় ঠাকুরের অলৌকিক আধ্যাত্মিকশক্তিসম্পন্ন দিব্যভাবময় জীবন সেই শিক্ষা ও সভ্যতার বিরুদ্ধে না দাঁড়ালে ভারতের নিজের জাতীয়ত্ব এবং সনাতন ধর্ম যে একেবারে লোপ পেত, তা হৃদয়ঙ্গম হয়। বাস্তবিক, ভেবে দেখলে এ কথা বেশ বোঝা যায় যে, ঠাকুর নিজের জীবনে যাবতীয় সম্প্রদায়ের ধর্মমত সাধন করে ‘যত মত তত পথ’-রূপ সত্যের আবিষ্কারে যেমন পৃথিবীর সর্বদেশের সর্বজাতির কল্যাণসাধন করে গেছেন, তেমনই পাশ্চাত্যভাবাপন্ন ব্যক্তিদের সামনে দীর্ঘ বারো বছর নিজের আদর্শজীবন যাপন করে তাদের মধ্যে এই সময়ে ধর্মসংস্থাপনের যে চেষ্টা করেছেন, তাতে পাশ্চাত্যভাবরূপ বন্যা বাধা পাওয়ায় ভারত বিষম সংকট উত্তীর্ণ হতে পেরেছে। অতএব সনাতন ধর্মের সঙ্গে পূর্বপ্রচলিত সর্বপ্রকার ধর্মমতকে সংযুক্ত করে অধিকারিভেদে সেগুলির সম-সমান প্রয়োজনীয়তা সপ্রমাণ করা যেমন তাঁর জীবনের বিশেষ কাজ বলে বোঝা যায়, তেমনই পাশ্চাত্য জড়বাদের প্রবল স্রোতে নিমজ্জনোন্মুখ ভারতের উদ্ধার তাঁর জীবনের দ্বিতীয় বিশেষ কাজ বলে চিহ্নিত করা যেতে পারে। সন ১২৪২ সাল বা ১৮৩৬ খ্রিস্টাব্দ থেকে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয় এবং সেই বছরেই ঠাকুর জন্ম-পরিগ্রহ করেন। অতএব পাশ্চাত্য শিক্ষার দোষভাগ যে শক্তির দ্বারা বাধা পাবে এবং যার সাহায্যে ভারত নিজের বিশেষত্ব রক্ষা করে পাশ্চাত্য শিক্ষার শুধু গুণভাগকে নিজস্ব করে নেবে, বিধাতার বিধানে সেই উভয় শক্তির ভারতে যুগপৎ উদয় দেখে বিস্মিত হতে হয়।
দিব্যভাবের প্রকাশ মানব-জীবনে কখন দেখা দেয়
আধ্যাত্মিক রাজ্যের শীর্ষস্থানে অবস্থিত দিব্যভাবের পূর্ণ প্রকাশ মানবজীবনে কদাচিৎ দেখা যায়। কর্মবন্ধনে আবদ্ধ জীব ঈশ্বরকৃপায় মুক্ত হয়ে সেই ভাবের অতি সামান্যই আস্বাদন করতে পারে। কারণ, মানব যখন শমদমাদি গুণসমূহ শ্বাসপ্রশ্বাসের মতো অনায়াসে আচরণ করতে পারে, পরমাত্মার প্রেমে আত্মহারা হয়ে তার ক্ষুদ্র আমিত্ববোধ যখন চিরকালের জন্য অখণ্ডসচ্চিদানন্দ-সাগরে বিলীন হয়ে যায়, নির্বিকল্প সমাধিতে ভস্মীভূত হয়ে তার মন-বুদ্ধি যখন সর্বপ্রকার মলিনতা পরিহার করে শুদ্ধসাত্ত্বিক বিগ্রহে পরিণত হয় এবং তার অন্তরের অনাদি বাসনাপ্রবাহ জ্ঞানসূর্যের প্রচণ্ড উত্তাপে একেবারে বিশুষ্ক হয়ে যখন নবীন সংস্কার ও কর্মপুঞ্জ আর উৎপাদন করতে পারে না—তখনই তার মধ্যে দিব্যভাবের উদয় হয় এবং তার জীবন কৃতার্থ হয়। অতএব দিব্যভাবের পূর্ণ প্রকাশে চিরপরিতৃপ্ত ব্যক্তির দর্শনলাভ যেমন অতীব বিরল, তেমনি আবার এমন ব্যক্তির কার্যকলাপ কোনোরকম অভাববোধ থেকে প্রসূত না হওয়ায় উদ্দেশ্যবিহীন বলে মনে হয়, এবং সাধারণ মন-বুদ্ধির কাছে চিরকাল দুর্বোধ্য থাকে। সুতরাং দিব্যভাবের স্বরূপ যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে কেবলমাত্র দিব্যভাবারূঢ় ব্যক্তিই সমর্থ হন এবং সেই ভাবের প্রেরণায় যে-সব অলৌকিক কার্যাবলি সম্পাদিত হয়, সে-সবের আলোচনা প্রগাঢ় শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে না করলে সেগুলির সামান্য মর্মগ্রহণও আমাদের মতো মন-বুদ্ধির পক্ষে কখনও সম্ভবপর হয় না।
অবতারপুরুষদের জীবনে এই স্বভাবের বিশেষ প্রকাশ থাকায় তাঁদের চরিত্র এত দুর্বোধ্য ও রহস্যময়
দিব্যভাবের পূর্ণপ্রকাশ একমাত্র অবতার-পুরুষদের মধ্যেই দেখা যায়। জগতের আধ্যাত্মিক ইতিহাস এ কথার সাক্ষ্য দেয়। সেজন্যই অবতারচরিত্র আমাদের কাছে চির-রহস্যময় বলে প্রতীয়মান হয়। বাস্তবিক, আমরা কল্পনার সাহায্যে মায়ারহিত ব্রহ্মজ্ঞানাবস্থার আংশিক চিত্র মনের মধ্যে অঙ্কিত করতে পারি, কিন্তু সেই অবস্থায় যাঁরা সহজ ও স্বাভাবিকভাবে সর্বদা অবস্থান করেন, তাঁরা কীভাবে কোন উদ্দেশ্যে—কখনও আমাদের মতো এবং কখনও অসীম শক্তিসম্পন্ন দেবতার মতো—কাজকর্ম করেন, তা ধরতে বুঝতে পারি না। আমাদের মন-বুদ্ধির কথা দূরে থাকুক, কল্পনা পর্যন্ত এ বিষয়ে এগোতে গিয়ে সর্বতোভাবে পরাজয় স্বীকার করে। অতএব শ্রীরামকৃষ্ণ-জীবনের এই সময়ের কার্যাবলির সম্যক আলোচনা যে সম্ভবপর নয়, তা আর বলতে হবে না। সুতরাং তাঁর এই সময়ের কার্যপরম্পরার উল্লেখমাত্র করে, সেগুলির সফলতা দেখে কোনটি কোন উদ্দেশ্যে সম্পাদিত হয়েছে বলে আমরা ধারণা করেছি, কেবল তা-ই পাঠককে বলে যাব। কার্যের গুরুত্ব দেখেই আমরা সর্বত্র কারণের মহত্ত্ব পরিমাপ করি। ঠাকুরের এই সময়ের কার্যাবলির অলৌকিকত্ব অনুধাবন করলে তাঁর অন্তরে দিব্যভাবের কতটা অদৃষ্টপূর্ব প্রকাশ ঘটেছিল, তা হৃদয়ঙ্গম করতে আমাদের বিলম্ব হবে না।
ওই ভাব অবলম্বন করে ঠাকুর যে-সব কাজ করেছেন, সেগুলির সাতটি প্রধান বিভাগ-নির্দেশ
দিব্যভাবারূঢ় শ্রীরামকৃষ্ণদেবের কাজগুলি এরপর থেকে কেবলমাত্র ধর্মসংস্থাপনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হলেও, সেগুলির মধ্যে সাতটি প্রধান বিভাগ লক্ষ করা যায়। দেখা যায় –
১ম। তিনি তাঁর সতী সাধ্বী সহধর্মিণীর ধর্মজীবন অপূর্বভাবে গঠন করে তাঁকে অন্যের মধ্যে ধর্মশক্তিসঞ্চারের প্রবল কেন্দ্রস্বরূপ করে তুলেছিলেন।
২য়। উচ্চাদর্শে জীবন পরিচালিত করে যাঁরা তখন কলিকাতা মহানগরীতে ধর্মবিষয়ে নেতা বলে গণ্য হতেন, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের আধ্যাত্মিক শক্তির সাহায্যে তাঁদের জীবন সর্বাঙ্গসম্পূর্ণ করতে সচেষ্ট হয়েছিলেন।
৩য়। দক্ষিণেশ্বরে সমাগত সবরকম সম্প্রদায়ের পিপাসু ব্যক্তিদের ধর্মালোক দিয়ে পরিতৃপ্ত করেছিলেন।
৪র্থ। যোগদৃষ্টিতে আগে দেখা ব্যক্তিদের নিজের কাছে আসতে দেখে অধিকারিভেদে শ্রেণিবিভাগ করে তাদের ধর্মজীবন গঠন করে দিতে চেষ্টা করেছিলেন।
৫ম। সেই সকল ব্যক্তির মধ্যে কয়েকজনকে ঈশ্বরলাভের জন্য সর্বস্বত্যাগরূপ ব্রতে দীক্ষিত করে সংসারে নিজের অভিনব উদার মত প্রচারের কেন্দ্র স্থাপন করেছিলেন।
৬ষ্ঠ। কলিকাতা-নিবাসী নিজের ভক্তদের বাড়িতে বারবার এসে ধর্মালাপ ও কীর্তনাদির সাহায্যে তাদের পরিবারের সকলের এবং পাড়ার লোকেদের জীবনে ধর্মভাব বিশেষভাবে প্রদীপ্ত করেছিলেন।
৭ম। অপূর্ব প্রেমবন্ধনে নিজের ভক্তদের দৃঢ়ভাবে আবদ্ধ করে তাদের মধ্যে এমন অদ্ভুত একপ্রাণতা এনেছিলেন যে, তার ফলে তারা পরস্পরের প্রতি অনুরক্ত হয়ে ক্রমে স্বভাবতই এক উদার ধর্মসংঘে পরিণত হয়েছিল।
এই সাত প্রকারের কার্যাবলির মধ্যে প্রথমটি ঠাকুর কীভাবে সন ১২৮০ সালে আরম্ভ করেছিলেন, তা আমরা পাঠককে ‘সাধকভাব’-শীর্ষক গ্রন্থের শেষভাগে বলেছি। তার পরের বছর সন ১২৮১ সালে তিনি ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের নেতা আচার্য কেশবচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কীভাবে দ্বিতীয় প্রকারের কার্যাবলি আরম্ভ করেছিলেন, তা-ও সেই গ্রন্থের পরিশিষ্টে আমরা আলোচনা করেছি। আবার পূর্বোক্ত বিভাগের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির কার্যাবলির সামান্য পরিচয় আমরা ‘গুরুভাব’ গ্রন্থের উত্তরার্ধের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ে পাঠককে দিয়েছি। অতএব বাকি প্রকারের কাজগুলি তিনি কখন কীভাবে আরম্ভ করেছিলেন, তা-ই আমরা সবার আগে আলোচনা করব।
কেশব-প্রমুখ ব্রাহ্মদের ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের আচার্য শ্রীযুক্ত কেশবচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে কলিকাতার জনসাধারণ ঠাকুরের কথা জানতে পেরেছিল। গুণগ্রাহী কেশব প্রথম দর্শনের দিন থেকেই যে ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন, এ কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। পাশ্চাত্যভাবে ভাবিত হলেও তাঁর হৃদয় যথার্থ ঈশ্বর-ভক্তিতে পূর্ণ ছিল এবং অমৃতময় ভক্তিরস একাকী সম্ভোগ করা তাঁর পক্ষে অসম্ভব ছিল। সুতরাং ঠাকুরের পুণ্যদর্শন ও অমৃতনিঃস্যন্দিনী বাণীতে তিনি জীবনপথে যতই নতুন আলো দেখতে লাগলেন, ততই সে কথা মুক্তকণ্ঠে জনসাধারণকে জানিয়ে, তারা সকলেও যাতে তাঁর মতো তৃপ্তি ও আনন্দ লাভ করতে পারে, সেজন্য সোৎসাহে আহ্বান করতে লাগলেন। তাই দেখা যায়, ওই সমাজের ইংরেজি ও বাংলা যাবতীয় পত্রিকা, যেমন—‘সুলভ সমাচার’, ‘সানডে মিরর্’, ‘থিইস্টিক্ কোয়ার্টার্লি রিভিউ’ প্রভৃতি এই সময় থেকে ঠাকুরের পূত চরিত, সারগর্ভ বাণী ও ধর্মবিষয়ক মতামতের আলোচনায় পূর্ণ। বক্তৃতা এবং একত্র উপাসনার পরে বেদী থেকে ব্রাহ্মসংঘকে সম্বোধন করে উপদেশ দিতে গিয়েও কেশব-প্রমুখ ব্রাহ্ম-নেতারা অনেক সময়ে ঠাকুরের বাণী আবৃত্তি করছেন। আবার অবসর পেলেই তাঁরা কখনও দু-চারজন অন্তরঙ্গের সঙ্গে এবং কখনও বা সদলবলে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়ে তাঁর সঙ্গে সদালাপে কিছু সময় কাটিয়ে আসছেন।
ব্রাহ্মদের সঙ্গে ঠাকুরের সপ্রেম সম্বন্ধ
ব্রাহ্মনেতাদের ধর্মপিপাসা ও ঈশ্বরানুরাগ দেখে আনন্দিত হয়ে, তাঁরা যাতে সাধনসমুদ্রে একেবারে ডুবে গিয়ে ঈশ্বরের প্রত্যক্ষ-দর্শনরূপ রত্ন লাভ করে কৃতার্থ হতে পারেন, সে বিষয়ে পথ দেখাতে ঠাকুর এই সময়ে বিশেষ যত্ন নিয়েছিলেন। তাঁদের সঙ্গে হরি-কথা ও কীর্তনে তিনি এত আনন্দ পেতেন যে, স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রায়ই মধ্যে মধ্যে কেশবের বাড়িতে চলে যেতেন। এভাবে সেই সমাজের বহু পিপাসু ব্যক্তির সঙ্গে ক্রমে তাঁর ঘনিষ্ঠ সম্বন্ধ গড়ে উঠেছিল এবং কেশব ছাড়া আরও কোনো কোনো ব্রাহ্মের বাড়িতেও তিনি কখনও কখনও গিয়ে তাঁদের আনন্দবর্ধন করতেন। সিঁদুরিয়াপটির মণিমোহন মল্লিক, মাথাঘষা গলির জয়গোপাল সেন, বরাহনগরের সিঁতি নামের পাড়ার বেণীমাধব পাল, নন্দনবাগানের কাশীশ্বর মিত্র প্রভৃতি ব্রাহ্মমতাবলম্বী ব্যক্তিদের বাড়িতে উৎসবে এবং অন্য সময়েও তাঁর যাতায়াতের কথা দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করা যায়। কখনও কখনও এমনও হয়েছে যে, বেদী থেকে উপদেশ দেওয়ার সময় তাঁকে হঠাৎ মন্দিরের ভিতরে আসতে দেখে শ্রীযুত কেশব তা সম্পূর্ণ না করেই বেদী থেকে নেমে এসেছেন এবং তাঁকে অভ্যর্থনা করে তাঁর বাণীশ্রবণে ও তাঁর সঙ্গে কীর্তনানন্দে সেই দিনের উপাসনা শেষ করেছেন।
ঠাকুর তাঁদের মতের লোক—ব্রাহ্মদের এমন ধারণা হওয়ার কারণ
নিজ নিজ সম্প্রদায়ের লোকদের সঙ্গেই মানুষ অকপটে মিশতে এবং নিঃসংকোচে আনন্দ পেতে পারে। সুতরাং তাঁদের সঙ্গে তাঁকে ওইভাবে মিশতে এবং আনন্দ করতে দেখে ব্রাহ্মনেতারা যে ঠাকুরকে তখন তাঁদের ভাবের ও মতের লোক বলে স্থির করবেন, তা বিচিত্র নয়। হিন্দুদের শাক্ত-বৈষ্ণবাদি ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকেরাও তাঁকে তাঁদের প্রত্যেকের সঙ্গে সেইরকমই যোগ দিতে ও আনন্দ করতে দেখে অনেক সময়ে তেমনই ভেবেছেন। কারণ সর্বভাবের উৎপত্তি এবং সমন্বয়ভূমি ‘ভাবমুখ’-এ অবস্থান করতে সমর্থ হয়েছিলেন বলেই যে ঠাকুর এমন করতে পারতেন—এ কথা তখন কে বুঝবে? কিন্তু তিনি যে তাঁদের সঙ্গে নিরাকার সগুণ ব্রহ্মের ধ্যান ও কীর্তনাদিতে তন্ময় হয়ে তাঁদের চেয়ে অধিক আনন্দ অনুভব করছেন এবং তাঁরা যেখানে অন্ধকার দেখছেন সেখানে অপূর্ব আলো সত্য সত্য প্রত্যক্ষ করছেন, এ বিষয়ে ব্রাহ্মসমাজের লোকদের বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তাঁরা এ কথাও বুঝেছিলেন যে, ঈশ্বরে সর্বস্ব অর্পণ করে তাঁর মতো তন্ময় হতে না পারলে তেমন দর্শন ও আনন্দানুভব কখনও সম্ভবপর নয়।
ঠাকুরের ব্রাহ্ম সাধকদের সাধনপথে অগ্রসর করা
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের অনেক ব্যক্তির সত্যানুরাগ, ত্যাগশীলতা এবং ধর্মপিপাসা প্রভৃতি সদ্গুণ দেখে ঠাকুর নিজের জীবনাদর্শে ধর্মপথে তাঁদের অগ্রসর করে দিতে সচেষ্ট হয়েছিলেন। ঈশ্বরানুরাগী ব্যক্তিরা যে সম্প্রদায়ভুক্তই হোন না কেন, তিনি তাঁদের চিরকাল পরমাত্মীয় বলে মনে করতেন এবং তাঁরা যাতে নিজ নিজ পথে অগ্রসর হয়ে পূর্ণতা লাভ করেন, সেজন্য অকাতরে সাহায্য করতেন। আবার যাঁরা যথার্থই ঈশ্বরভক্ত, তাঁদের সকলকে ঠাকুর এক পৃথক জাতি বলে সর্বদা উল্লেখ করতেন এবং তাঁদের সঙ্গে একত্রে পান-ভোজন করতে কখনও দ্বিধা করতেন না। অতএব কেশব এবং তাঁর পার্ষদ, যেমন—বিজয়কৃষ্ণ গোস্বামী, প্রতাপচন্দ্র মজুমদার, চিরঞ্জীব শর্মা, শিবনাথ শাস্ত্রী, অমৃতলাল বসু প্রমুখ ব্যক্তিদের তিনি যে এই সময়ে পরম স্নেহের চোখে দেখে আধ্যাত্মিক সহায়তা করতে এগিয়ে আসবেন এবং তাঁদের সঙ্গে একত্র পান-ভোজনে সংকুচিত হবেন না, এ কথা বলা বাহুল্য। পাশ্চাত্য শিক্ষা এবং ভাবের প্রভাবে এঁরা যে জাতীয় ধর্মাদর্শ থেকে বহুদূরে বিচ্যুত হয়ে পড়ছেন এবং অনেক সময়ে সমাজ-সংস্কারকেই ধর্মানুষ্ঠানের চূড়ান্ত বলে ভেবে বসছেন, এ কথা বুঝতে তাঁর বিলম্ব হয়নি। তিনি সেজন্য তাঁদের ভিতরে যথার্থ সাধনানুরাগ প্রবুদ্ধ করেছিলেন এবং সমাজ তাঁদের সঙ্গে সেই পথে অগ্রসর হোক বা না হোক, একমাত্র ঈশ্বর-লাভকেই তাঁরা যাতে জীবনোদ্দেশ্য-রূপে অবলম্বন করেন, তার জন্য সচেষ্ট হয়েছিলেন। ফলে, শ্রীযুত কেশব সদলবলে ঠাকুরের দেখানো পথে অনেক দূর অগ্রসর হয়েছিলেন—মধুর মাতৃনামে ঈশ্বরকে সম্বোধন ও তাঁর মাতৃত্বের উপাসনা সমাজে প্রচলিত হয়েছিল এবং সেই সমাজের সাহিত্য, সংগীত প্রভৃতি সব বিষয়ে ঠাকুরের ভাব প্রবেশ করে সমাজকে সরস করে তুলেছিল। শুধু তা-ই নয়; ভ্রম ও কুসংস্কারপূর্ণ ভেবে হিন্দুদের যে-সব আদর্শ ও অনুষ্ঠান থেকে ব্রাহ্মসমাজ নিজেকে বিচ্ছিন্ন ও পৃথক করেছিল, সেগুলির মধ্যে অনেক বিষয় ভাবার এবং শেখার আছে—সেই সমাজের নেতারা এ কথাও ঠাকুরের জীবনালোকে বুঝতে পেরেছিলেন।
‘ল্যাজা-মুড়ো’ বাদ দিয়ে তাঁর কথা গ্রহণ করতে ব্রাহ্মদের বলার কারণ
পাশ্চাত্যভাবে ভাবিত কেশব ও তাঁর সঙ্গীরা ঠাকুরের সবরকম ভাব ও উপদেশ যে যথাযথ বুঝতে পারবেন না এবং যা বুঝতে পারবেন তাও পুরোপুরি গ্রহণ করা তাঁদের রুচিকর হবে না—এ কথা তিনি আগে থেকেই হৃদয়ঙ্গম করেছিলেন। সেজন্য তাঁদের উপদেশ দেওয়ার সময়ে কোনো কথা বলার পরে, ওই বিষয়টি মনে রেখে, তিনি প্রায়ই বলতেন, “আমি যা হয় বলে গেলাম, তোমরা তার ‘ল্যাজা-মুড়ো’ বাদ দিয়ে গ্রহণ কোরো।” আবার ব্রাহ্মসমাজভুক্ত অনেক ব্যক্তির কাছে সমাজসংস্কার এবং ভোগবাসনার তৃপ্তি জীবনোদ্দেশ্যের স্থান অধিকার করেছে—এ কথা বুঝতে তাঁর বিলম্ব হয়নি। তিনি অনেক সময়ে রসিকতা করে তা প্রকাশও করতেন। বলতেন –
ঠাকুরের রসিকতার ছলে শিক্ষাপ্রদান
“কেশবের ওখানে গিয়েছিলাম। তাঁদের উপাসনা দেখলাম। অনেকক্ষণ ভগবদ্-ঐশ্বর্যের কথাবার্তার পরে বলল—‘এইবার আমরা তাঁর (ঈশ্বরের) ধ্যান করি।’ ভাবলাম কতক্ষণ না জানি ধ্যান করবে! ওমা! দু-মিনিট চোক্ বুজতে না বুজতেই হয়ে গেল। —এইরকম ধ্যান করে কি তাঁকে পাওয়া যায়? যখন তারা সব ধ্যান করছিল, তখন সকলের মুখের দিকে তাকিয়ে দেখলাম। পরে কেশবকে বললাম, ‘তোমাদের অনেকের ধ্যান দেখলাম, কী মনে হল জানো? —দক্ষিণেশ্বরে ঝাউতলায় কখনও কখনও হনুমানের পাল চুপ করে বসে থাকে—যেন কত ভালো, কিছু জানে না। কিন্তু তা নয়, তারা তখন বসে বসে ভাবছে—কোন গৃহস্থের চালে লাউ বা কুমড়োটা আছে, কার বাগানে কলা বা বেগুন হয়েছে। কিছুক্ষণ পরেই উপ্ করে সেখানে গিয়ে পড়ে সেগুলো ছিঁড়ে নিয়ে পেট ভরায়। অনেকের ধ্যান দেখলাম ঠিক সেইরকম!’ সকলে শুনে হাসতে লাগল।”
এভাবে রসিকতার ছলে তিনি কখনও কখনও আমাদেরও শিক্ষা দিতেন। আমাদের মনে আছে, স্বামী বিবেকানন্দ একদিন তাঁর সামনে ভজন গাইছিলেন। স্বামীজী তখন ব্রাহ্মসমাজে যাতায়াত করতেন এবং সকালে ও সন্ধ্যায় দুবার সেই সমাজের ভাবে উপাসনা ও ধ্যানাদি করতেন। “(সেই) এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কর রে” ইত্যাদি ব্রহ্মসংগীতটি তিনি অনুরাগের সঙ্গে তন্ময় হয়ে গাইতে লাগলেন। সেই সংগীতের একটি কলিতে আছে—“ভজন-সাধন তাঁর, কর রে নিরন্তর”; ঠাকুর ওই কথাগুলি স্বামীজীর মনে দৃঢ়মুদ্রিত করে দেওয়ার জন্য হঠাৎ বলে উঠলেন, “না, না, বল—‘ভজন-সাধন তাঁর, কর রে দিনে দুবার’—কাজে যা করবি না, মিছামিছি তা কেন বলবি?” সকলে জোরে হেসে উঠল, স্বামীজীও একটু অপ্রতিভ হলেন।
ব্রাহ্মদের প্রতি শিক্ষাপ্রদান—ঐশ্বর্যজ্ঞানে ঈশ্বরকে আপন করা যায় না
আর এক সময় ঠাকুর উপাসনা সম্বন্ধে কেশব-প্রমুখ ব্রাহ্মদের বলেছিলেন, “তোমরা তাঁর (ঈশ্বরের) ঐশ্বর্যের কথা অত করে বলো কেন? সন্তান কি তার বাপের সামনে বসে ‘বাবার আমার কত বাড়ি, কত ঘোড়া, কত গরু, কত বাগ-বাগিচা আছে’ এই সব ভাবে? অথবা, বাবা তার কত আপন, তাকে কত ভালোবাসে, এই ভেবে মুগ্ধ হয়? ছেলেকে বাপ খেতে পরতে দেয়, সুখে রাখে, তাতে আর কী হয়েছে? আমরা সকলেই তাঁর (ঈশ্বরের) সন্তান, অতএব তিনি যে আমাদের প্রতি এমন ব্যবহার করবেন তাতে আর আশ্চর্য কী? যথার্থ ভক্ত সেজন্য ওসব কথা না ভেবে তাঁকে আপন করে নিয়ে তাঁর উপর আবদার করে, অভিমান করে, জোর করে তাঁকে বলে, ‘তোমাকে আমার প্রার্থনা পূর্ণ করতেই হবে, আমাকে দেখা দিতেই হবে।’ অত করে ঐশ্বর্য ভাবলে তাঁকে খুব কাছের, খুব আপন বলে ভাবা যায় না, তাঁর উপর জোর করা যায় না। তিনি কত মহান, আমাদের কাছ থেকে কত দূরে, এইরকম ভাব আসে। তাঁকে খুব আপন বলে ভাবো, তবে তো হবে (তাঁকে পাওয়া যাবে)।”
ঈশ্বরের স্বরূপের অন্ত নির্দেশ করা যায় না
ঈশ্বরলাভের জন্য সাধন-ভজন ও বিষয়বাসনা-ত্যাগের একান্ত প্রয়োজনীয়তা শেখা ছাড়া, ঠাকুরের সংস্পর্শে এসে কেশব-প্রমুখ ব্রাহ্মেরা অন্য একটি বিষয়ও জানতে পেরেছিলেন। পাশ্চাত্যের ধর্মপ্রচারকদের মুখে এবং ইংরেজি বইপত্র থেকে তাঁরা শিখেছিলেন, ঈশ্বর কখনও সাকার হতে পারেন না, অতএব কোনো সাকার মূর্তিতে তাঁর অধিষ্ঠান স্বীকার করে পূজোপাসনাদি করলে মহাপাপ হয়। কিন্তু “নিরাকার জল জমে সাকার বরফ হওয়ার মতো নিরাকার সচ্চিদানন্দের ভক্তিহিমে জমে সাকার হওয়া”, “শোলার আতা দেখে যথার্থ আতা মনে পড়ার মতো সাকারমূর্তি-অবলম্বনে ঈশ্বরের যথার্থ স্বরূপের প্রত্যক্ষজ্ঞানে পৌঁছানো”—ইত্যাদি প্রতীকোপাসনার কথা ঠাকুরের শ্রীমুখে শুনে তাঁরা বুঝেছিলেন, ‘পৌত্তলিকতা’ নাম দিয়ে তাঁরা যে কাজটাকে এতদিন নিতান্ত যুক্তিহীন ও হেয় ভেবে এসেছেন, সে সম্বন্ধে বলার ও চিন্তা করার অনেক বিষয় আছে। তা ছাড়া যেদিন ঠাকুর ‘অগ্নি ও তার দাহিকাশক্তির মতো ব্রহ্ম ও ব্রহ্মশক্তির প্রকাশ বিরাট-জগতের অভিন্নতা’ কেশব-প্রমুখ ব্রাহ্মদের কাছে প্রতিপাদন করলেন, সেদিন যে তাঁরা সাকারোপাসনাকে নতুন আলোয় দেখতে পেয়েছিলেন, তাতে সন্দেহ নেই। তাঁরা সেদিন নিঃসংশয়ে বুঝেছিলেন যে, কেবলমাত্র নিরাকার সগুণ ব্রহ্মরূপে নির্দেশ করলে ঈশ্বরের যথার্থ স্বরূপের একাংশমাত্রই নির্দিষ্ট হয়। তাঁরা বুঝেছিলেন, ঈশ্বর-স্বরূপকে কেবলমাত্র সাকার বলে নির্দিষ্ট করলে যে দোষ হয়, কেবলমাত্র নিরাকার সগুণ বলে তাকে নির্দেশ করলেও তেমনই দোষ হয়। কারণ, ঈশ্বর সাকার-জগৎরূপে ব্যক্ত হয়ে রয়েছেন, নিরাকার সগুণ-ব্রহ্মস্বরূপে জগতের নিয়ামক হয়ে রয়েছেন, আবার সর্বগুণের অতীত অবস্থায় থেকে ঈশ্বর জীব, জগৎ প্রভৃতি যাবতীয় ব্যক্তি ও বস্তুর নামরূপযুক্ত প্রকাশের ভিত্তি-স্বরূপ হয়ে সতত অবস্থান করছেন। “ঈশ্বর-স্বরূপে ইতি করতে নেই—তিনি সাকার, তিনি নিরাকার (সগুণ) এবং তা ছাড়া তিনি আরও যে কী, তা কে জানতে বলতে পারে?” ঠাকুরের এই সামান্য উক্তির ভিতর এমন গভীর অর্থ দেখতে পেয়ে কেশব-প্রমুখ সকলে সেদিন স্তম্ভিত হয়েছিলেন।
ভারতবর্ষীয় সমাজের রূপ-পরিবর্তন
সন ১২৮১ সালের চৈত্র মাসে, ইংরেজি ১৮৭৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে, ঠাকুরের পুণ্যদর্শন প্রথম লাভ করার পর থেকে তিন বছরের কিছু বেশি সময় ধরে কেশব-পরিচালিত ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ এভাবে দিন দিন পাশ্চাত্যভাবের মোহ থেকে বিমুক্ত হয়ে নবীন আকার ধারণ করতে লাগল এবং ব্রাহ্মদের মধ্যে অনেকের সাধনানুরাগ সাধারণের চিত্ত আকর্ষণ করল। পরে সন ১২৮৪ সালে, ইংরেজি ১৮৭৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ তারিখে, শ্রীযুত কেশব তাঁর কন্যাকে কুচবিহার প্রদেশের মহারাজের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ করলেন। বিবাহের সময় কন্যার বয়সের যে সীমা ব্রাহ্মসমাজ আগে স্থির করেছিল, কেশব-দুহিতার বয়স তার চেয়ে কিছু কম থাকায় সেই বিবাহ নিয়ে সমাজে বিষম গণ্ডগোল বাধল এবং পাশ্চাত্যানুকরণে সমাজসংস্কারপ্রিয়তারূপ শিলাখণ্ডে প্রতিহত হয়ে এই সময় থেকে সমাজ ‘ভারতবর্ষীয়’ ও ‘সাধারণ’ নামে দুই ধারায় প্রবাহিত হতে লাগল। ব্রাহ্মসমাজের উপর ঠাকুরের প্রভাব কিন্তু সেই ঘটনায় থেমে গেল না। তিনি দুই পক্ষকেই সমান আদর করতে লাগলেন এবং দুই পক্ষের পিপাসু ব্যক্তিরাই তাঁর কাছে এসে আগের মতো আধ্যাত্মিক পথে সাহায্য পেতে লাগল।
ঠাকুরের আবিষ্কৃত তত্ত্বের কিছু অংশ গ্রহণ করে কেশবের ‘নববিধান’ আখ্যাপ্রদান ও প্রচার
ভারতবর্ষীয় ব্রাহ্মদলের নেতা শ্রীযুত কেশব এরপর থেকে দ্রুত পায়ে সাধনমার্গে অগ্রসর হয়েছিলেন এবং ঠাকুরের কৃপায় তাঁর আধ্যাত্মিক জীবন তখন থেকে সুগভীর হয়ে উঠেছিল। হোম, অভিষেক, মুণ্ডন, কাষায়ধারণ প্রভৃতি স্থূল ক্রিয়ার সাহায্যে মানব-মন আধ্যাত্মিক রাজ্যের সূক্ষ্ম ও উচ্চ স্তরগুলিতে আরোহণ করতে পারে, এ কথা হৃদয়ঙ্গম করে তিনি সেগুলির অল্পবিস্তর অনুষ্ঠান করেছিলেন। বুদ্ধ, শ্রীগৌরাঙ্গ, ঈশা প্রভৃতি মহাপুরুষেরা জীবন্ত ভাবময় তনুতে নিত্য বিদ্যমান এবং তাঁদের প্রত্যেকে আধ্যাত্মিক রাজ্যে এক-একটি বিশেষ ভাবপ্রস্রবণ-স্বরূপে সতত অবস্থান করছেন, এ কথা বুঝতে পেরে তাঁদের ভাব যথাযথ উপলব্ধি করার জন্য তিনি কখনও একের, কখনও অন্যের ধ্যানে তন্ময় হয়ে কিছুকাল কাটিয়েছিলেন। ঠাকুর সবরকম ‘ভেক্’ ধারণ করে সকল মতের সাধনা করেছিলেন শুনেই যে কেশবের ওই প্রবৃত্তি হয়েছিল, তা বলা বাহুল্য। এভাবে সাধনগুলির অল্পবিস্তর অনুষ্ঠান করে ‘যত মত, তত পথ’-রূপ ঠাকুরের নবাবিষ্কৃত তত্ত্বের বিষয় শ্রীযুত কেশব যতদূর বুঝতে পেরেছিলেন, তা-ই কুচবিহার-বিবাহের প্রায় দুই বছর পরে ‘নববিধান’ আখ্যা দিয়ে জনসমাজে প্রচার করেছিলেন। ঠাকুরকে তিনি সেই বিধানের ঘনীভূত মূর্তি জেনে কতটা শ্রদ্ধা-ভক্তি করতেন, তা প্রকাশ করতে আমরা অসমর্থ। আমাদের মধ্যে অনেকে দেখেছে, দক্ষিণেশ্বরে ঠাকুরের পদপ্রান্তে এসে তিনি ‘জয় বিধানের জয়’, ‘জয় বিধানের জয়’ এ কথা বারবার উচ্চারণ করতে করতে তাঁর পদধূলি গ্রহণ করছেন। ‘নববিধান’ প্রচারের প্রায় চার বছর পরে তিনি ইহলোক থেকে প্রস্থান না করলে তাঁর আধ্যাত্মিক জীবন ক্রমে কত সুগভীর হত, তা কে বলতে পারে?
ঠাকুর কেশবকে কতটা আপন মনে করতেন
ঠাকুর শ্রীযুত কেশবকে এতটা পরমাত্মীয় বলে মনে করতেন যে, এক সময়ে তাঁর অসুস্থতার কথা শুনে তাঁর আরোগ্যের জন্য শ্রীশ্রীজগদম্বার কাছে ডাব-চিনি মানত করেছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে দেখতে গিয়ে অত্যন্ত কৃশ দেখে চোখের জল সামলাতে পারেননি; পরে বলেছিলেন, “বসরাই গোলাপের গাছে বড় ফুল হবে বলে মালী কখনও কখনও গাছটাকে কেটে ছেঁটে তার শিকড় পর্যন্ত মাটি থেকে বের করে রোদ ও হিম খাওয়ায়। তোমার শরীরের এই অবস্থা মালী (ঈশ্বর) সেইজন্যই করেছেন।” আবার তাঁর শেষ পীড়ার অন্তে ১৮৮৪ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তাঁর শরীর-রক্ষার কথা শুনে অভিভূত হয়ে ঠাকুর তিন দিন কারও সঙ্গে কথাবার্তা না বলে শুয়ে ছিলেন এবং পরে বলেছিলেন, “কেশবের মৃত্যুর কথা শুনে আমার বোধ হল, যেন আমার একটা অঙ্গ পড়ে গেছে!” শ্রীযুত কেশবের পরিবারের স্ত্রী-পুরুষ সকলে ঠাকুরকে বিশেষ ভক্তি করতেন এবং কখনও কখনও তাঁকে ‘কমল কুটির’-এ নিয়ে গিয়ে এবং কখনও বা দক্ষিণেশ্বরে তাঁর কাছে এসে তাঁর শ্রীমুখ থেকে আধ্যাত্মিক উপদেশ শুনতেন। মাঘোৎসবে তাঁর সঙ্গে ভগবদালাপ ও কীর্তনাদিতে একদিন আনন্দ করা কেশবের জীবৎকালে নববিধান সমাজের অবশ্যকর্তব্য একটি অঙ্গ হয়ে উঠেছিল। সেই সময়ে শ্রীযুত কেশব কখনও কখনও জাহাজে করে সদলবলে দক্ষিণেশ্বরে আসতেন এবং ঠাকুরকে তাতে তুলে নিয়ে ভাগীরথী-বক্ষে ঘুরে বেড়াতে বেড়াতে কীর্তনাদি-আনন্দে মগ্ন হতেন।
ঠাকুরের প্রভাবে বিজয়কৃষ্ণ গোস্বামীর মত-পরিবর্তন ও ব্রাহ্মসমাজ পরিত্যাগ
কুচবিহার-বিবাহ নিয়ে বিচ্ছিন্ন হওয়ার পরে শ্রীযুত বিজয়কৃষ্ণ গোস্বামী ও শিবনাথ শাস্ত্রী ‘সাধারণ’ সমাজের আচার্যপদ গ্রহণ করেছিলেন। শ্রীযুত বিজয় আগে সত্যপরায়ণতা এবং সাধনানুরাগের জন্য কেশবের বিশেষ প্রিয় ছিলেন। ঠাকুরের পুণ্যদর্শনলাভের পরে আচার্য কেশবের মতো বিজয়কৃষ্ণেরও সাধনানুরাগ বিশেষভাবে প্রবৃদ্ধ হয়েছিল। সেই পথে অগ্রসর হয়ে অল্প সময়ের মধ্যেই তিনি নানা নতুন আধ্যাত্মিক প্রত্যক্ষ লাভ করেছিলেন এবং ঈশ্বরের সাকার প্রকাশে বিশ্বাসী হয়ে উঠেছিলেন। আমরা বিশ্বস্তসূত্রে শুনেছি, ব্রাহ্মসমাজে যোগ দেওয়ার আগে বিজয় যখন সংস্কৃত কলেজে অধ্যয়ন করতে কলিকাতায় এসেছিলেন, তখন দীর্ঘ শিখা, সূত্র এবং নানা কবচ প্রভৃতিতে তাঁর অঙ্গ ভূষিত ছিল; সত্যের অনুরোধে বিজয় সেই সব একদিনে ত্যাগ করে ব্রাহ্মদলে যোগ দিয়েছিলেন। কুচবিহার-বিবাহের পরে সত্যের অনুরোধে তিনি নিজের গুরুতুল্য কেশবকে বর্জন করেছিলেন। আবার সেই সত্যের অনুরোধে তিনি এবার তাঁর সাকার-বিশ্বাস লুকিয়ে রাখতে না পেরে ব্রাহ্মসমাজ থেকে নিজেকে পৃথক করতে বাধ্য হয়েছিলেন। এতে তাঁর জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় কিছুকালের জন্য তাঁকে অর্থাভাবে বিশেষ কষ্ট পেতে হয়েছিল। কিন্তু তিনি তাতে কিছুমাত্র অবসন্ন হননি। শ্রীযুত বিজয় ঠাকুরের কাছ থেকে আধ্যাত্মিক সহায়তা লাভের কথা এবং কখনও কখনও অদ্ভুতভাবে তাঁর দর্শন পাওয়ার বিষয় অনেক সময় আমাদের কাছে স্পষ্টাক্ষরে উল্লেখ করেছেন। কিন্তু তিনি তাঁকে উপগুরুরূপে ভক্তিশ্রদ্ধা করতেন, না অন্য কোনোভাবে, তা বলতে পারি না। কারণ, গয়াধামে আকাশগঙ্গার পাহাড়ে এক সাধু কৃপা করে নিজের যোগশক্তির সাহায্যে তাঁকে হঠাৎ সমাধিস্থ করে দিয়েছিলেন ও তাঁর গুরুপদবি গ্রহণ করেছিলেন, এ কথাও আমরা তাঁর কাছে শুনেছিলাম। ঠাকুরের সম্বন্ধে কিন্তু তাঁর যে অতি উচ্চ ধারণা ছিল তাতে সংশয় নেই এবং সে বিষয়ে তাঁর নিজের মুখ থেকে আমরা যে-সব কথা শুনেছি, তা গ্রন্থের অন্যত্র প্রকাশ করেছি।[1]
বিজয় এরপর থেকে সাধনায় কতদূর অগ্রসর হয়েছিলেন
ব্রাহ্মসমাজ থেকে পৃথক হওয়ার পরে বিজয়কৃষ্ণের আধ্যাত্মিক গভীরতা দিন দিন বাড়তে লাগল। কীর্তনের সময় ভাবাবিষ্ট অবস্থায় তাঁর উদ্দাম নৃত্য ও ঘন ঘন সমাধি দেখে লোকে মোহিত হত। ঠাকুরের শ্রীমুখে আমরা তাঁর উচ্চাবস্থার কথা এভাবে শুনেছি—“যে ঘরে প্রবেশ করলে লোকের ঈশ্বরসাধনা পূর্ণত্ব লাভ করে, তার পাশের ঘরে পৌঁছে বিজয় দরজা খুলে দেওয়ার জন্য করাঘাত করছে!” —আধ্যাত্মিক গভীরতা লাভের পরে শ্রীযুত বিজয় অনেককে মন্ত্রশিষ্য করেছিলেন এবং ঠাকুরের শরীররক্ষার প্রায় চোদ্দো বছর পরে ৺পুরীধামে দেহরক্ষা করেছিলেন।
‘শিব-রামের যুদ্ধ’ কথায় কেশব ও বিজয়ের মনোমালিন্য দূর হওয়া
কুচবিহার-বিবাহের পরে ভারতবর্ষীয় ও সাধারণ ব্রাহ্মদলের মধ্যে বিশেষ মনান্তর দেখা যেত। এক দলের সঙ্গে অন্য দলের কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। দুই দলের সাধনানুরাগী ব্যক্তিরা কিন্তু আগের মতো সমানভাবে দক্ষিণেশ্বরে আসতেন, এ কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। কেশব ও বিজয় দুজনেই এই সময়ে একদিন নিজ নিজ অন্তরঙ্গদের সঙ্গে হঠাৎ ঠাকুরের কাছে এসে পড়েছিলেন। এক দল অন্য দলের আসার কথা জানত না বলেই অবশ্য এমন হয়েছিল এবং আগের বিরোধ মনে পড়ায় দুই দলের মধ্যে একটা সংকোচের ভাব দেখা গিয়েছিল। কেশব এবং বিজয়ের মধ্যেও সেই সংকোচ রয়েছে দেখে ঠাকুর সেদিন তাঁদের বিবাদ মিটিয়ে দেওয়ার উদ্দেশ্যে বললেন –
“দেখো, ভগবান শিব এবং রামচন্দ্রের মধ্যে এক সময়ে দ্বন্দ্ব বেধে ভীষণ যুদ্ধ শুরু হয়েছিল। শিবের গুরু রাম এবং রামের গুরু শিব—এ কথা প্রসিদ্ধ। সুতরাং যুদ্ধের পর তাঁদের পরস্পরের মিল হতে দেরি হল না। কিন্তু শিবের চেলা ভূত-প্রেতদের সঙ্গে রামের চেলা বাঁদরদের আর কখনও মিল হল না। ভূতে-বাঁদরে লড়াই সর্বক্ষণ চলতে লাগল। (কেশব ও বিজয়কে সম্বোধন করে) যা হওয়ার হয়ে গেছে, তোমাদের পরস্পরের মধ্যে এখন আর মনোমালিন্য রাখা উচিত নয়, ওটা ভূত ও বাঁদরদের মধ্যেই থাকুক।”
ঠাকুরের প্রভাবে ব্রাহ্মসংঘ ভেঙে যাবে ভেবে আচার্য শিবনাথের দক্ষিণেশ্বর-গমনে বিরত হওয়া
সেই থেকে কেশব ও বিজয়ের মধ্যে আবার কথাবার্তা চলতে লাগল। শ্রীযুত বিজয় নিজের অভিনব আধ্যাত্মিক প্রত্যক্ষগুলির অনুরোধে সাধারণসমাজ পরিত্যাগ করলে সেই দলের মধ্যে যাঁরা তাঁর উপর একান্ত বিশ্বাস রাখতেন, তাঁরাও তাঁর সঙ্গে চলে এলেন। সাধারণ-সমাজ সেই কারণে এই সময়ে বিশেষ ক্ষীণ হয়ে পড়েছিল। আচার্য শ্রীযুত শিবনাথ শাস্ত্রীই তখন সেই দলের নেতা হয়ে সমাজকে রক্ষা করেছিলেন। শিবনাথ এর আগে অনেক বার ঠাকুরের কাছে এসেছিলেন এবং তাঁকে বিশেষ ভক্তিশ্রদ্ধা করতেন। ঠাকুরও শিবনাথকে বিশেষ স্নেহ করতেন। কিন্তু বিজয় সমাজ ছাড়ার পরে শিবনাথ বিষম সমস্যায় পড়েছিলেন। ঠাকুরের উপদেশের প্রভাবেই যে বিজয়কৃষ্ণের ধর্মভাবের পরিবর্তন হয়েছে এবং পরিণামে তিনি সমাজ পরিত্যাগ করেছেন, এ কথা অনুধাবন করে শিবনাথ এবার ঠাকুরের কাছে আগের মতো যাওয়া-আসা বন্ধ করলেন। স্বামী বিবেকানন্দ এই সময়ের কিছু আগে থেকে সাধারণ-সমাজে যোগ দিয়েছিলেন এবং শিবনাথ-প্রমুখ ব্রাহ্মদের বিশেষ প্রিয় হয়ে উঠেছিলেন। এভাবে সাধারণ-সমাজে যোগ দিলেও স্বামীজী কিন্তু মধ্যে মধ্যে শ্রীযুত কেশবের ও দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাতায়াত করতেন। স্বামীজী বলতেন, আচার্য শিবনাথকে তিনি এই সময়ে ঠাকুরের কাছে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে শিবনাথ বলেছিলেন, দক্ষিণেশ্বরে তিনি ঘন ঘন গেলে তাঁর দেখাদেখি ব্রাহ্মসংঘের অন্য সকলেও তা-ই করবে এবং পরিণামে সেই দল ভেঙে যাবে। স্বামীজী বলতেন, এমন ধারণার বশবর্তী হয়ে শ্রীযুত শিবনাথ এই সময়ে তাঁকে দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন এবং বলেছিলেন, ঠাকুরের ভাবসমাধি প্রভৃতি স্নায়ুদৌর্বল্য থেকে দেখা দিয়েছে! —অত্যধিক শারীরিক কঠোরতার ফলে তাঁর মস্তিষ্কবিকৃতি হয়েছে! ঠাকুর সে কথা শুনে শিবনাথকে যা বলেছিলেন, আমরা অন্যত্র তার উল্লেখ করেছি।[2]
ব্রাহ্মসমাজে ঠাকুরের প্রভাব সম্বন্ধে আচার্য প্রতাপচন্দ্রের কথা
সে যা হোক, ঠাকুরের প্রভাবে ব্রাহ্মসংঘে যে সাধনানুরাগ প্রবেশ করেছিল, তার ফলে ‘নববিধান’ এবং ‘সাধারণ’ দুই সমাজেরই ধর্মপিপাসু ব্যক্তিরা এমনভাবে জীবন গঠন করতে শুরু করেছিলেন, যাতে ঈশ্বরকে প্রত্যক্ষ করতে পারেন। আচার্য প্রতাপচন্দ্র মজুমদার এক সময়ে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সঙ্গলাভ করার পর আমরা তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, সমাজে আধ্যাত্মিক ভাবের বিকাশ কেমন ও কতটা হয়েছে; তিনি বলেছিলেন, “এঁকে দেখার আগে আমরা ধর্ম কাকে বলে, তা কি বুঝতাম? —কেবল গুণ্ডামি করে বেড়াতাম। এঁর দর্শনলাভের পরে বুঝেছি যথার্থ ধর্মজীবন কাকে বলে।” শ্রীযুত প্রতাপের সঙ্গে সেদিন আচার্য চিরঞ্জীব শর্মা (ত্রৈলোক্যনাথ সান্যাল) উপস্থিত ছিলেন।
সাধারণ ব্রাহ্মসমাজে ঠাকুরের প্রভাব
নববিধান-সমাজে ঠাকুরের প্রভাব বিশেষ পরিলক্ষিত হলেও বিজয়কৃষ্ণ যতদিন আচার্য-পদবিতে প্রতিষ্ঠিত ছিলেন, ততদিন পর্যন্ত সাধারণসমাজেও তা কম দেখা যেত না। বিজয়ের সঙ্গে অনেক ধর্মপিপাসু ব্যক্তি সমাজ পরিত্যাগ করার পর থেকে সেখানে ওই প্রভাব হ্রাস পেয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই সমাজ আধ্যাত্মিকতা হারিয়ে সমাজ-সংস্কার, দেশ-হিতৈষণা প্রভৃতি কাজেই নিজেকে প্রধানত নিযুক্ত রেখেছে। হ্রাস পেলেও সেই প্রভাব যে একেবারেই লুপ্ত হয়নি, তার নিদর্শন সমাজের লোকদের মধ্যে কারও কারও যোগাভ্যাসে, বেদান্ত-চর্চায় এবং প্রেততত্ত্বাদির (Spiritualism) অনুশীলনে দেখা যায়। উচ্চাঙ্গের কর্তাভজা-সম্প্রদায়ের বৈদিক মতের অনুশীলনও যে সাধারণসমাজের কোনো কোনো ব্যক্তি করেন এবং ধ্যানাদির সাহায্যে শারীরিক ব্যাধি-নিবারণের চেষ্টা করেন, এ কথাও আমরা জানতে পেরেছি।
ব্রহ্মসংগীতে ঠাকুরের প্রভাব
নববিধান-সমাজের আচার্য চিরঞ্জীব শর্মা ব্রহ্মসংগীতকে বিশেষভাবে পুষ্ট করেছেন, এ কথা বলতে হবে না। কিন্তু অনুসন্ধান করলে জানা যায়, ঠাকুরের নানারকম দর্শন, ভাব ও সমাধি প্রভৃতির সঙ্গে পরিচিত হয়েই তিনি তাঁর শ্রেষ্ঠ ভাবোদ্দীপক পদগুলি রচনা করতে পেরেছেন। এমন কয়েকটি পদের[3] প্রথম অংশ মাত্র আমরা নিচে উল্লেখ করছি –
(১) নিবিড় আঁধারে মা তোর চমকে অরূপরাশি।
(২) গভীর সমাধি-সিন্ধু অনন্ত অপার।
(৩) চিদাকাশে হ’ল পূর্ণ প্রেম-চন্দ্রোদয় রে।
(৪) চিদানন্দ-সিন্ধুনীরে প্রেমানন্দের লহরী।
(৫) আমায় দে মা পাগল করে।
সুকবি আচার্য চিরঞ্জীব শর্মা এমন সব পদ রচনা করে সমগ্র বঙ্গবাসীর এবং দেশের সাধককুলের কৃতজ্ঞতাভাজন হয়েছেন, তা নিঃসন্দেহ। কিন্তু ঠাকুরের ভাবসমাধি দেখেই যে তিনি সেই সব পদ সৃষ্টি করতে পেরেছিলেন, তাতেও সংশয় নেই। আচার্য চিরঞ্জীব সুকণ্ঠ ছিলেন। তাঁর সংগীত শুনে ঠাকুরকে আমরা অনেক সময় সমাধিস্থ হতে দেখেছি।
ব্রাহ্মধর্ম ঈশ্বরলাভের অন্যতম পথ বলে ঠাকুরের ঘোষণা
এভাবে ব্রাহ্মসমাজ এই সময়ে ঠাকুরের অদৃষ্টপূর্ব আধ্যাত্মিক প্রভাবে অনুপ্রাণিত হয়েছিল। ঈশ্বরের নিরাকার স্বরূপের উপাসনা সেই সমাজে যেভাবে প্রচারিত হয়, তাকে ঠাকুর কখনও কখনও ‘কাঁচা নিরাকার ভাব’ বললেও[4] যথার্থ বিশ্বাসের সঙ্গে সেই ভাবে উপাসনা করলে সাধক ঈশ্বরলাভ করতে পারেন—এ কথা তাঁর মুখে আমরা বারবার শুনেছি; কীর্তনের শেষে ঈশ্বর ও তাঁর সকল সম্প্রদায়ের ভক্তদের প্রণাম করার সময়ে তিনি ‘আধুনিক ব্রহ্মজ্ঞানীদের প্রণাম’ বলে ব্রাহ্মমণ্ডলীকে প্রণাম করতে কখনও ভুলতেন না। এতেই বোঝা যায়, ভগবদিচ্ছায় ঈশ্বরলাভের জন্য জগতে প্রচারিত অন্য সকল মত বা পথের মতো ব্রাহ্মধর্মকেও তিনি এক পথ বলে সত্য সত্য বিশ্বাস করতেন। তবে পাশ্চাত্য ভাব থেকে বিমুক্ত হয়ে ব্রাহ্মমণ্ডলী যাতে যথার্থ আধ্যাত্মিক মার্গে প্রতিষ্ঠিত হন, সে বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ ও চেষ্টা ছিল; এবং সমাজসংস্কারাদি কাজ প্রশংসনীয় ও অবশ্যকর্তব্য হলেও সেই সব কাজ যাতে তাঁদের সমাজে মানবজীবনের একমাত্র উদ্দেশ্য বলে গণ্য না হয়, এবং তার ফলে ঈশ্বরলাভের জন্য সাধনভজনাদি হেয় বলে বিবেচিত না হয়, সে সম্বন্ধে তিনি তাঁদের বিশেষভাবে সতর্ক করতেন। ব্রাহ্মসমাজই ঠাকুরের অদৃষ্টপূর্ব আধ্যাত্মিক জীবনের প্রথম চর্চা করে কলিকাতার জনসাধারণের চিত্ত দক্ষিণেশ্বরে আকৃষ্ট করেছিল। ঠাকুরের শ্রীপদপ্রান্তে বসে যাঁরা আধ্যাত্মিক শক্তি ও শান্তিলাভে ধন্য হয়েছেন, তাঁদের প্রত্যেকে সেজন্য ‘নববিধান’ ও ‘সাধারণ’ উভয় ব্রাহ্মসমাজের কাছেই চিরঋণে আবদ্ধ। বর্তমান লেখক আবার এই দুই সমাজের কাছে আরও বেশি ঋণী। কারণ, উচ্চাদর্শ সামনে ধরে যৌবনের প্রারম্ভে আধ্যাত্মিকভাবে চরিত্রগঠনে তাকে সেই দুই সমাজই সাহায্য করেছিল। অতএব ব্রহ্ম, ব্রাহ্মধর্ম ও ব্রাহ্মমণ্ডলী বা সমাজরূপী ত্রি-রত্নকে স্বরূপত এক জ্ঞানে শ্রদ্ধা ও কৃতজ্ঞতাভরে আমরা পুনঃপুনঃ প্রণাম করছি এবং ব্রাহ্মমণ্ডলীর সঙ্গে মিলিত হয়ে ঠাকুরের আনন্দ করা সম্বন্ধে যে দুটি বিশেষ চিত্র স্বচক্ষে দর্শন করার সুযোগ পেয়েছিলাম, তা-ই এখন পাঠককে উপহার দিচ্ছি।
[1] গুরুভাব, উত্তরার্ধ, ৫ম অধ্যায় দেখো।
[2] গুরুভাব, উত্তরার্ধ, দ্বিতীয় অধ্যায় দেখো।
[3] নববিধান-সমাজের সংগীতের বইগুলিতে পাঠক পদগুলি দেখতে পাবেন।
[4] গুরুভাব, পূর্বার্ধ, দ্বিতীয় অধ্যায় দেখো।
ঘটনার সময় নির্ণয়
আমাদের বেশ মনে আছে সেটা হেমন্তকাল; গ্রীষ্মসন্তপ্তা প্রকৃতি তখন বর্ষার স্নানসুখে পরিতৃপ্ত হয়ে শারদীয় অঙ্গরাগ ধারণ করে শীতের উন্মেষ অনুভব করছিলেন এবং স্নিগ্ধ শীতল নিজাঙ্গে সযত্নে বসন টেনে দিচ্ছিলেন। হেমন্তেরও তিন ভাগ তখন অতীতপ্রায়। এই সময়ের একদিনের ঘটনা আমরা এখানে বিবৃত করছি। ঠাকুরের পরমভক্ত আমাদের একজন শ্রদ্ধাস্পদ বন্ধু[1] সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন; এবং তাঁর প্রথামতো পঞ্জিকায় সেই তারিখটি চিহ্নিত করে পাশে সে কথা লিখে রেখেছিলেন। তা দেখে জেনেছি, ঘটনাটি ঘটেছিল সন ১২৯০ সালের ১১ অগ্রহায়ণ, সোমবারে, ইংরেজি ১৮৮৩ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর তারিখে।
বৈকুণ্ঠনাথ সান্যালের সঙ্গে পরিচয়
তখন কলিকাতার ‘সেন্ট জেভিয়ার্স’ কলেজে আমরা অধ্যয়ন করি এবং এর আগে দুই-তিনবার মাত্র দক্ষিণেশ্বরে ঠাকুরের পুণ্য দর্শনলাভ করেছি। কোনো কারণে কলেজ বন্ধ থাকায় আমরা[2] সেদিন বিকেলে ঠাকুরের কাছে যাব বলে পরামর্শ করে ঠিক করেছিলাম। মনে আছে, নৌকায় দক্ষিণেশ্বরে যাওয়ার সময় আরোহীদের মধ্যে একজন আমাদের মতো ঠাকুরের কাছে যাচ্ছেন শুনে তাঁর সঙ্গে আলাপ করে জানলাম তাঁর নাম বৈকুণ্ঠনাথ সান্যাল; আমাদের মতোই অল্পদিন হল ঠাকুরের দর্শন পেয়ে ধন্য হয়েছেন। এ কথাও মনে পড়ে, নৌকার মধ্যে অন্য এক আরোহী আমাদের মুখে ঠাকুরের নাম শুনে তাঁর প্রতি শ্লেষপূর্ণ কথা বললে বৈকুণ্ঠনাথ বিষম ঘৃণার সঙ্গে তার কথার উত্তর দিয়ে তাকে নিরুত্তর করে দিয়েছিলেন। যখন গন্তব্যস্থলে পৌঁছলাম তখন বেলা ২টা বা ২৷৷টা হবে।
বাবুরামের সঙ্গে প্রথম আলাপ
ঠাকুরের ঘরে প্রবেশ করে তাঁর পদপ্রান্তে প্রণাম করতেই তিনি বললেন, “তাইতো, তোমরা আজ এলে; আর কিছুক্ষণ পরে এলে দেখা হত না; আজ কলিকাতায় যাচ্ছি, গাড়ি আনতে গেছে; সেখানে উৎসব, ব্রাহ্মদের উৎসব। যা হোক, দেখা যে হল এটাই ভালো, বসো। দেখা না পেয়ে ফিরে গেলে মনে কষ্ট হত।”
ঘরের মেঝেতে একটি মাদুরে আমরা বসলাম। পরে জিজ্ঞাসা করলাম, “মহাশয়, আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমরা গেলে কি ঢুকতে দেবে না?” ঠাকুর বললেন, “তা কেন? ইচ্ছা হলে তোমরা অনায়াসে যেতে পারো—সিঁদুরিয়াপটি মণি মল্লিকের বাড়ি।” একজন নাতিকৃশ গৌরবর্ণ রক্তবস্ত্র-পরিহিত যুবক সেই সময় ঘরে প্রবেশ করছেন দেখে ঠাকুর তাঁকে বললেন, “ওরে, এদের মণি মল্লিকের বাড়ির নম্বরটা বলে দে তো।” যুবকটি বিনীতভাবে উত্তর দিলেন, “৮১নং চিৎপুর রোড, সিঁদুরিয়াপটি।” যুবকের বিনীত স্বভাব ও সাত্ত্বিক প্রকৃতি দেখে আমাদের মনে হল তিনি দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির কোনো ভট্টাচার্যের ছেলে হবেন। কিন্তু দুই-এক মাস পরে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বেরোতে দেখে আমরা তাঁর সঙ্গে আলাপ করে জানলাম, আমাদের ধারণা ভুল হয়েছিল। জেনেছিলাম, তাঁর নাম বাবুরাম; বাড়ি তারকেশ্বরের কাছে আঁটপুরে; কলিকাতায় কম্বুলিয়াটোলায় বাসাবাড়িতে আছেন; মধ্যে মধ্যে ঠাকুরের কাছে গিয়ে থেকে আসেন। বলা বাহুল্য, ইনিই এখন স্বামী প্রেমানন্দ নামে শ্রীরামকৃষ্ণ-সংঘে সুপরিচিত।
অল্পক্ষণ পরেই গাড়ি এসে পড়ল এবং ঠাকুর বাবুরামকে নিজের গামছা, মশলার বটুয়া ও কাপড়চোপড় নিতে বলে শ্রীশ্রীজগদম্বাকে প্রণাম করে গাড়িতে উঠলেন। বাবুরাম সেই জিনিসগুলি নিয়ে গাড়ির অন্যদিকে বসলেন। অন্য একজনও সেদিন ঠাকুরের সঙ্গে কলিকাতায় গিয়েছিলেন। খোঁজ করে জেনেছিলাম তাঁর নাম প্রতাপচন্দ্র হাজরা।
ঠাকুর চলে যাওয়ার পরেই আমরা সৌভাগ্যক্রমে একখানি গহনার নৌকা পেয়ে কলিকাতায় বড়বাজার ঘাটে নামলাম এবং উৎসব সন্ধ্যায় হবে ভেবে এক বন্ধুর বাসায় কিছুক্ষণ অপেক্ষা করলাম। নবপরিচিত বৈকুণ্ঠনাথ যথাকালে উৎসবস্থলে দেখা হবে বলে একটা কাজ সারতে অন্য জায়গায় চলে গেলেন।
মণি মল্লিকের বৈঠকখানায় অপূর্ব কীর্তন
প্রায় ৪টার সময় আমরা খোঁজ করে মণিবাবুর বাড়িতে পৌঁছলাম। ঠাকুর এসেছেন কি না আমরা জিজ্ঞাসা করলে একজন লোক উপরে বৈঠকখানায় যাওয়ার পথ আমাদের দেখিয়ে দিল। আমরা সেখানে গিয়ে দেখলাম ঘরখানি উৎসবের জন্য পত্রপুষ্পে সাজানো হয়েছে এবং কয়েকজন ভক্ত পরস্পরের সঙ্গে কথা বলছেন। জিজ্ঞাসা করে জানলাম দুপুরে উপাসনা ও সংগীতাদি হয়ে গেছে, সন্ধ্যায় আবার উপাসনা ও কীর্তনাদি হবে এবং স্ত্রীভক্তদের অনুরোধে ঠাকুরকে কিছুক্ষণ হল অন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
উপাসনাদির দেরি আছে শুনে আমরা কিছুক্ষণের জন্য অন্য জায়গায় গেলাম। পরে সন্ধ্যা হলে আবার উৎসবস্থলে এলাম। বাড়ির সামনের রাস্তায় পৌঁছতেই মধুর সংগীত ও মৃদঙ্গের রোল আমাদের কানে এল। তখন কীর্তন আরম্ভ হয়েছে বুঝে আমরা দ্রুত পায়ে বৈঠকখানায় গিয়ে যা দেখলাম তা বলবার নয়। ঘরের ভিতরে-বাইরে লোকের ভিড় লেগেছে। প্রত্যেক দরজার সামনে এবং পশ্চিমের ছাদে এত লোক দাঁড়িয়েছে যে, সেই ভিড় ঠেলে ঘরে ঢোকা একেবারে অসাধ্য। সকলেই উদ্গ্রীব হয়ে ঘরের ভিতরে ভক্তিপূর্ণ স্থিরনেত্রে চেয়ে রয়েছে; পাশে কে আছে না আছে, সে হুঁশটুকুও নেই। সামনের দরজা দিয়ে ঘরে ঢোকা অসম্ভব বুঝে আমরা পশ্চিমের ছাদ দিয়ে ঘুরে বৈঠকখানার উত্তরের একটি দরজার পাশে হাজির হলাম। লোকের ভিড় এখানে কিছু কম থাকায় কোনোমতে ঘরের ভিতরে মাথা গলিয়ে দেখলাম—অপূর্ব দৃশ্য!
ঠাকুরের অপূর্ব নৃত্য
ঘরের ভিতরে স্বর্গীয় আনন্দের বিশাল তরঙ্গ খরস্রোতে বয়ে চলেছে; সকলে একেবারে আত্মহারা হয়ে কীর্তনের সঙ্গে সঙ্গে হাসছে, কাঁদছে, উদ্দাম নৃত্য করছে, মাটিতে আছাড় খেয়ে পড়ছে, বিহ্বল হয়ে উন্মত্তের মতো আচরণ করছে; আর ঠাকুর সেই উন্মত্ত দলের মাঝখানে নৃত্য করতে করতে কখনও দ্রুত পায়ে তালে তালে সামনে এগিয়ে যাচ্ছেন, আবার কখনও বা তেমনই পিছনে হটে আসছেন, এবং এভাবে যখন যেদিকে তিনি এগোচ্ছেন, সেই দিকের লোকেরা মন্ত্রমুগ্ধের মতো তাঁর অনায়াস যাতায়াতের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে। তাঁর হাস্যপূর্ণ আননে অদৃষ্টপূর্ব দিব্যজ্যোতি ক্রীড়া করছে এবং প্রতি অঙ্গে অপূর্ব কোমলতা ও মাধুর্যের সঙ্গে সিংহের মতো বলের যুগপৎ আবির্ভাব হয়েছে। সে এক অপূর্ব নৃত্য—তাতে আড়ম্বর নেই, লম্ফন নেই, কৃচ্ছ্রসাধ্য অস্বাভাবিক অঙ্গবিকৃতি বা অঙ্গ-সংযমরাহিত্য নেই; আছে কেবল আনন্দের অধীরতায় মাধুর্য ও উদ্যমের সম্মিলনে প্রতি অঙ্গের স্বাভাবিক সংস্থিতি ও গতিবিধি! নির্মল সলিলরাশি পেয়ে মাছ যেমন কখনও ধীরভাবে এবং কখনও দ্রুত সাঁতার কেটে চারদিকে ছুটে বেড়িয়ে আনন্দ প্রকাশ করে, ঠাকুরের এই অপূর্ব নৃত্যও যেন ঠিক তেমনই। তিনি যেন আনন্দসাগর—ব্রহ্মস্বরূপে নিমগ্ন হয়ে নিজ অন্তরের ভাব বাইরের অঙ্গসংস্থানে প্রকাশ করছিলেন। এভাবে নৃত্য করতে করতে তিনি কখনও বা সংজ্ঞাশূন্য হয়ে পড়ছিলেন; কখনও বা তাঁর পরনের কাপড় খসে যাচ্ছিল এবং অন্যেরা তা তাঁর কোমরে শক্ত করে বেঁধে দিচ্ছিল; আবার কখনও বা কাউকে ভাবাবেশে সংজ্ঞাশূন্য হতে দেখে তিনি তার বুক স্পর্শ করে তাকে পুনরায় সচেতন করছিলেন। বোধ হচ্ছিল যেন তাঁকে অবলম্বন করে এক দিব্যোজ্জ্বল আনন্দধারা চারদিকে ছড়িয়ে পড়ে যথার্থ ভক্তকে ঈশ্বরদর্শন করতে, মৃদু-বৈরাগ্যবানকে তীব্র বৈরাগ্য লাভ করতে, অলস মনকে আধ্যাত্মিক রাজ্যে সোৎসাহে অগ্রসর হতে সমর্থ করে তুলছিল এবং ঘোর বিষয়ীর মন থেকেও সংসারাসক্তিকে সেই ক্ষণের জন্য কোথায় বিলুপ্ত করে দিয়েছিল। তাঁর ভাবাবেশ অন্যদের মধ্যে সংক্রমিত হয়ে তাদের ভাববিহ্বল করে ফেলছিল এবং তাঁর পবিত্রতায় প্রদীপ্ত হয়ে তাদের মন যেন কোনো এক উচ্চ আধ্যাত্মিক স্তরে আরোহণ করেছিল। সাধারণ ব্রাহ্মসমাজের আচার্য গোস্বামী বিজয়কৃষ্ণের তো কথাই নেই, অন্য ব্রাহ্ম-ভক্তদের অনেকেও সেদিন মধ্যে মধ্যে ভাবাবিষ্ট ও সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গিয়েছিলেন। আর সুকণ্ঠ আচার্য চিরঞ্জীব সেদিন একতারা বাজিয়ে ‘নাচ্ রে আনন্দময়ীর ছেলে, তোরা ঘুরে ফিরে’—ইত্যাদি সংগীতটি গাইতে গাইতে তন্ময় হয়ে যেন নিজের মধ্যে নিজেই ডুবে গিয়েছিলেন। এভাবে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় কীর্তনানন্দে কাটলে, ‘এমন মধুর হরিনাম জগতে আনিল কে’[3]—এই পদটি গাওয়া হল এবং সকল ধর্মসম্প্রদায় ও ভক্ত্যাচার্যদের প্রণাম জানানোর পর সেই অপূর্ব কীর্তনের বেগ সেদিন শান্ত হল।
আমাদের স্মরণ আছে, কীর্তনের পর সকলে বসলে ঠাকুর আচার্য নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ‘হরিরসমদিরা পিয়ে মম মানস মাত রে’[4]—এই সংগীতটি গাইতে অনুরোধ করেছিলেন এবং তিনিও ভাবাবিষ্ট হয়ে গানটি দুই-তিনবার মধুরভাবে গেয়ে সকলকে আনন্দিত করেছিলেন।
তারপর রূপরসাদি বিষয় থেকে মন তুলে নিয়ে ঈশ্বরে অর্পণ করতে পারলেই জীবের পরম শান্তিলাভ হয়, এই প্রসঙ্গে ঠাকুর সামনের লোকদের কাছে অনেক কথা বলতে লাগলেন। স্ত্রীভক্তেরাও তখন বৈঠকখানাঘরের পূর্বদিকে চিকের আড়াল থেকে তাঁকে আধ্যাত্মিক বিষয়ে নানা প্রশ্ন করে উত্তর পেয়ে আনন্দিত হতে লাগলেন। এভাবে প্রশ্নের সমাধান করতে করতে ঠাকুর প্রসঙ্গে ওঠা বিষয়টির দৃঢ় ধারণা জন্মিয়ে দেওয়ার জন্য মার (শ্রীশ্রীজগদম্বার) নাম আরম্ভ করলেন এবং একের পর এক রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধক-ভক্তদের রচিত অনেকগুলি সংগীত গেয়ে চললেন। সেগুলির মধ্যে নিম্নলিখিত কয়েকটি গীত তিনি যে গেয়েছিলেন, তা আমাদের বেশ মনে আছে –
(১) মজল আমার মন-ভ্রমরা শ্যামাপদ নীলকমলে।
(২) শ্যামাপদ-আকাশেতে মন-ঘুড়িখান উড়তেছিল।
(৩) এসব খ্যাপা মায়ের খেলা।
(৪) মন বেচারীর কী দোষ আছে।
তারে কেন দোষী কর মিছে॥
(৫) আমি ঐ খেদে খেদ করি।
তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি॥
বিজয় গোস্বামীর সঙ্গে ঠাকুরের রহস্যালাপ
ঠাকুর যখন ওইভাবে মার নাম করছিলেন তখন গোস্বামী বিজয়কৃষ্ণ অন্য ঘরে গিয়ে কয়েকজন ভক্তের কাছে তুলসীদাসী রামায়ণ পাঠ ও ব্যাখ্যা করছিলেন। সন্ধ্যার উপাসনার সময় প্রায় হয়ে এসেছে দেখে, ঠাকুরকে প্রণাম করে সেই কাজ আরম্ভ করবেন বলে তিনি এবার বৈঠকখানাঘরে ফিরে এলেন। বিজয়কে দেখেই ঠাকুর বালকের মতো রঙ্গ করে বলতে লাগলেন, “বিজয়ের আজকাল সঙ্কীর্তনে বিশেষ আনন্দ। কিন্তু সে যখন নাচে তখন আমার ভয় হয় পাছে ছাদসুদ্ধ উলটে যায়! (সকলের হাসি)। হাঁগো, ঐরূপ একটি ঘটনা আমাদের দেশে সত্য সত্য হয়েছিল। সেখানে কাঠ-মাটি দিয়েই লোকে দোতলা করে। এক গোস্বামী শিষ্যবাড়ি উপস্থিত হয়ে ঐরূপ দোতলায় কীর্তন আরম্ভ করেন। কীর্তন জমতেই নাচ আরম্ভ হলো। এখন, গোস্বামী ছিলেন (বিজয়কে সম্বোধন করে) তোমারই মতন একটু হৃষ্টপুষ্ট। কিছুক্ষণ নাচবার পরেই ছাদ ভেঙে তিনি একেবারে একতলায় হাজির! তাই ভয় হয়, পাছে তোমার নাচে সেইরূপ হয়।” (সকলের হাসি)। ঠাকুর বিজয়কৃষ্ণের পরনে গেরুয়া বস্ত্র লক্ষ করে এইবার বলতে লাগলেন, “আজকাল এঁর (বিজয়ের) গেরুয়ার উপরেও খুব অনুরাগ। লোকে কেবল কাপড়-চাদর গেরুয়া করে। বিজয় কাপড়, চাদর, জামা মায় জুতা জোড়াটা পর্যন্ত গেরুয়ায় রাঙিয়েছে। তা ভাল, একটা অবস্থা হয় যখন ঐরূপ করতে ইচ্ছা হয়—গেরুয়া ছাড়া অন্য কিছু পরতে ইচ্ছা হয় না। গেরুয়া ত্যাগের চিহ্ন কিনা, তাই গেরুয়া সাধককে স্মরণ করিয়ে দেয়, সে ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগে ব্রতী হয়েছে।” গোস্বামী বিজয়কৃষ্ণ এইবার ঠাকুরকে প্রণাম করলেন এবং ঠাকুর তাঁকে প্রসন্নমনে আশীর্বাদ করলেন, “ওঁ শান্তি, শান্তি, প্রশান্তি হোক তোমার।”
ঠাকুরের ভক্তের প্রতি ভালোবাসা
ঠাকুর যখন মা-র নাম করছিলেন, তখন আর একটি ঘটনা ঘটেছিল। এতে বোঝা যায়, অন্তর্মুখে সর্বদা অবস্থান করলেও তাঁর বহির্বিষয় লক্ষ করার শক্তি কতটা তীক্ষ্ণ ছিল। গান গাইতে গাইতে বাবুরামের মুখের দিকে তাকিয়ে তিনি বুঝলেন, সে খিদে-তেষ্টায় কাতর হয়েছে। তাঁর আগে সে কখনোই খাবে না, এ কথা জেনে, তিনি নিজে খাবেন বলে কতকগুলি সন্দেশ ও এক গেলাস জল আনালেন, এবং তা থেকে কণামাত্র নিজে নিয়ে বেশির ভাগটা শ্রীযুত বাবুরামকে দিলেন। বাকিটা উপস্থিত সব ভক্ত প্রসাদরূপে গ্রহণ করল।
বিজয় প্রণাম করে সন্ধ্যার উপাসনা করতে নিচে নেমে আসার কিছুক্ষণ পরে ঠাকুরকে খাওয়ানোর জন্য অন্দরে নিয়ে যাওয়া হল। তখন রাত নটা বেজে গেছে। আমরা সেই ফাঁকে শ্রীযুক্ত বিজয়ের উপাসনায় যোগ দেওয়ার জন্য নিচে নেমে এলাম। দেখলাম উঠোনেই একসঙ্গে উপাসনার অধিবেশন হয়েছে এবং তার উত্তর পাশের দালানে বেদিকার উপরে বসে আচার্য বিজয়কৃষ্ণ ব্রাহ্মভক্তদের সঙ্গে সমস্বরে ‘সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম’ ইত্যাদি বাক্যে ব্রহ্মের মহিমা স্মরণ করে উপাসনা আরম্ভ করছেন। উপাসনা এভাবে কিছুক্ষণ চলার পরে ঠাকুর সভাস্থলে এলেন এবং অন্য সকলের সঙ্গে একাসনে বসে তাতে যোগ দিলেন। প্রায় দশ-পনেরো মিনিট তিনি স্থির হয়ে বসে রইলেন। পরে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। তারপর রাত দশটা বেজে গেছে বলে তিনি দক্ষিণেশ্বরে ফেরার জন্য গাড়ি আনতে বললেন। এরপর হিম লাগার ভয়ে তিনি মোজা, জামা ও কানঢাকা টুপি পরলেন এবং বাবুরাম প্রভৃতিকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সভাস্থল ছেড়ে গাড়িতে উঠলেন। সেই সময়ে আচার্য বিজয়কৃষ্ণ বেদি থেকে ব্রাহ্মসংঘকে সম্বোধন করে যথারীতি উপদেশ দিতে আরম্ভ করেছিলেন। এই সুযোগে সভাস্থল ছেড়ে আমরাও বাড়ির দিকে রওনা হলাম।
মণি মল্লিকের ভক্ত-পরিবার
এমন করে ব্রাহ্মভক্তদের সঙ্গে মিলিত হয়ে ঠাকুর যেভাবে আনন্দ করতেন, তার পরিচয় আমরা সেদিন পেয়েছিলাম। মণিবাবু আনুষ্ঠানিক ব্রাহ্ম ছিলেন কি না, তা বলতে পারি না। কিন্তু তাঁর পরিবারের স্ত্রী-পুরুষ সকলেই যে তখন ব্রাহ্মমতাবলম্বী ছিলেন এবং সেই সমাজের পদ্ধতি অনুসারে দৈনিক উপাসনাদি করতেন, তা আমরা সবিশেষ জানি। এঁরই পরিবারের একজন রমণী উপাসনার সময় মন স্থির করতে পারেন না জেনে ঠাকুর তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, “কার কথা তখন মনে আসে বল দেখি?” রমণীটি নিজের অল্পবয়স্ক ভাইপোকে লালনপালন করছেন এবং তারই কথা তাঁর অন্তরে সর্বদা জাগে জানতে পেরে, ঠাকুর তাঁকে সেই বালককেই বাল-শ্রীকৃষ্ণের মূর্তি জেনে সেবা করতে বলেছিলেন। রমণীটি ঠাকুরের এই উপদেশ কাজে পরিণত করতে করতে কিছুকালের মধ্যেই ভাবসমাধিস্থ হয়েছিলেন। এ কথা আমরা ‘লীলাপ্রসঙ্গ’-এর অন্যত্র উল্লেখ করেছি।[5] সে যা হোক, ঠাকুরকে আমরা আর একদিন কয়েকজন ব্রাহ্মভক্তকে নিয়ে অন্য জায়গায় আনন্দ করতে স্বচক্ষে দর্শন করেছিলাম। সেই চিত্রই এখন পাঠকের সামনে তুলে ধরব।
[1] বাগবাজার-নিবাসী শ্রীযুত বলরাম বসু।
[2] কুমিল্লানিবাসী শ্রীযুত বরদাসুন্দর পাল এবং চব্বিশ-পরগণার অন্তর্গত বেলঘরিয়ানিবাসী শ্রীযুত হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় (স্বামী বিজ্ঞানানন্দ)।
[3] গীতটি আমাদের যতদূর মনে আছে নিচে দিচ্ছি –
এমন মধুর হরিনাম জগতে আনিল কে।
এ নাম নিতাই এনেছে, না হয় গৌর এনেছে,
না হয় শান্তিপুরের অদ্বৈত সেই এনেছে।
[4] হরিরসমদিরা পিয়ে মম মানস মাত রে।
(একবার) লুটয় অবনীতল হরি হরি বলে কাঁদ্ রে।
(গতি কর কর বলে)
গভীর নিনাদে হরি হরি নামে গগন ছাও রে।
নাচ হরি বলে দুবাহু তুলে হরিনাম বিলাও রে।
(লোকের দ্বারে দ্বারে)
হরি-প্রেমানন্দরসে, অনুদিন ভাস রে।
গাও হরিনাম, হও পূর্ণকাম,
(যত) নীচ বাসনা নাশ রে।
(প্রেমানন্দে মেতে)
[5] গুরুভাব, পূর্বার্ধ – প্রথম অধ্যায় দেখো।
জয়গোপাল সেনের বাড়ি
সিঁদুরিয়াপটির মণিমোহনের বাড়িতে ঠাকুরের কীর্তনানন্দ ও ভাবাবেশ দেখে আমরাই যে কেবল আধ্যাত্মিক রাজ্যে অদৃষ্টপূর্ব নতুন আলো দেখে মুগ্ধ হয়েছিলাম তা নয়, বন্ধুবর বরদাসুন্দরও তেমনই অনুভব করেছিলেন, এবং ঠাকুর আবার কবে কোথায় এসে তেমন আনন্দ করবেন, সে বিষয়ে খোঁজ করতে শুরু করলেন। তাঁর এই চেষ্টা ফলবতী হতে দেরি হয়নি। কারণ, তার দুই দিন পরে ১৩ অগ্রহায়ণ, ইংরেজি ২৮ নভেম্বর, বুধবার সকালে তাঁর সঙ্গে দেখা হওয়ামাত্র তিনি বললেন, “আজ বিকেলে শ্রীরামকৃষ্ণদেব কমল-কুটিরে কেশববাবুকে দেখতে আসবেন এবং পরে সন্ধ্যায় মাথাঘষা পাড়ার জয়গোপাল সেনের বাড়িতে আসবেন, দেখতে যাবে কি?” শ্রীযুত কেশব তখন বিশেষ অসুস্থ, এ কথা আমাদের জানা ছিল। সুতরাং আমাদের মতো অপরিচিত লোক কমল-কুটিরে গেলে বিরক্তির কারণ হওয়ার সম্ভাবনা আছে বুঝে আমরা সন্ধ্যায় শ্রীযুত জয়গোপালের বাড়িতেই ঠাকুরকে দেখতে যাওয়া স্থির করলাম।
মাথাঘষা পাড়া বড়বাজারের কোনো এক অংশের নাম হবে ভেবে আমরা সেখানেই প্রথমে গেলাম এবং জিজ্ঞাসা করতে করতে এগিয়ে ক্রমে শ্রীযুত জয়গোপালের বাড়িতে পৌঁছোলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে। মণিমোহনের বাড়িতে উৎসবের দিনের মতো সেদিনও বিকেলে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। কারণ, বেশ মনে আছে, রাস্তায় কাদা ভাঙতে ভাঙতে আমরা গন্তব্যস্থলে পৌঁছেছিলাম। এ কথাও মনে পড়ে যে, মণিমোহনের বাড়ির মতো জয়গোপালবাবুর বাড়িও পশ্চিমদ্বারী ছিল এবং পূর্বমুখী হয়ে আমরা সেই বাড়িতে ঢুকেছিলাম। প্রবেশ করেই একজনকে দেখতে পেয়ে আমরা ঠাকুর এসেছেন কি না জিজ্ঞাসা করেছিলাম, এবং তিনিও তা শুনে আমাদের সাদরে ডেকে দক্ষিণের সিঁড়ি দিয়ে উপরে উঠে পুবদিকের উত্তর-দক্ষিণে বিস্তৃত প্রশস্ত বৈঠকখানায় যেতে বলেছিলেন। দোতলায় সেই ঘরে ঢুকে দেখলাম, ঘরখানি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো; বসার জন্য মেঝেতে ঢালাও বিছানা পাতা রয়েছে এবং তারই এক অংশে ঠাকুর কয়েকজন ব্রাহ্মভক্ত-পরিবৃত হয়ে বসে আছেন। নববিধান-সমাজের দুই আচার্য শ্রীযুত চিরঞ্জীব শর্মা ও শ্রীযুত অমৃতলাল বসু যে তাঁদের মধ্যে ছিলেন, এ কথা মনে পড়ে। তা ছাড়া গৃহস্বামী শ্রীযুত জয়গোপাল ও তাঁর ভাই, তাঁর পাড়ার দুই-তিনজন বন্ধু এবং ঠাকুরের সঙ্গে আসা তাঁর দুই-একজন ভক্তও সেখানে উপস্থিত ছিলেন। মনে হয়, ঠাকুর যাঁকে ‘হুট্কো’ বলতেন, সেই ‘ছোটগোপাল’ নামের যুবক ভক্তটিকেও সেদিন সেখানে দেখতে পেয়েছিলাম। সেদিন ঠাকুরের কাছে দশ-বারোজন মাত্র লোককে এভাবে উপস্থিত থাকতে দেখে আমরা বুঝেছিলাম, আজকের সম্মিলন সাধারণের জন্য নয় এবং এখানে আমাদের এমন করে আসাটা সম্পূর্ণ ন্যায়সংগত হয়নি। সেজন্য, মনে আছে, আমরা পরামর্শ করে এই স্থির করেছিলাম যে, সকলকে খেতে ডাকার কিছু আগে এখান থেকে সরে পড়ব।
ঘরে ঢুকেই আমরা ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের শ্রীপদপ্রান্তে প্রণাম করলাম এবং “তোমরা এখানে কেমন করে এলে”—তাঁর এই প্রশ্নের উত্তরে বললাম, “খবর পেয়েছিলাম আপনি আজ এখানে আসবেন, তাই আপনাকে দেখতে এসেছি।” তিনি এই উত্তর শুনে প্রসন্ন হলেন বলে বোধ হল, এবং আমাদের বসতে বললেন। তখন নিশ্চিন্তমনে বসে আমরা সকলকে লক্ষ করতে এবং তাঁর উপদেশ-গর্ভ কথাবার্তা শুনতে লাগলাম।
ঠাকুরের উপদেশ দেওয়ার প্রণালী
ঠাকুরের পুণ্যদর্শন মাত্র অল্পকাল আগে লাভ করলেও তাঁর অমৃতময়ী বাণীর অপূর্ব আকর্ষণ আমরা প্রথম দিন থেকেই উপলব্ধি করেছিলাম। এর কারণ তখন হৃদয়ঙ্গম করতে না পারলেও এখন বুঝতে পারি, তাঁর উপদেশ দেওয়ার প্রণালী কতটা স্বতন্ত্র ছিল। তাতে আড়ম্বর ছিল না, তর্কযুক্তির ছটা, অথবা বাছা বাছা বাক্যবিন্যাস ছিল না, স্বল্প ভাবকে ভাষার সাহায্যে ফেনিয়ে বেশি দেখাবার প্রয়াস ছিল না, কিংবা দার্শনিক সূত্রকারদের মতো স্বল্পাক্ষরে যতদূর সাধ্য অধিক ভাব প্রকাশ করার চেষ্টাও ছিল না। ভাবময় ঠাকুর ভাষার দিকে আদৌ লক্ষ রাখতেন কি না বলতে পারি না, তবে যিনি তাঁর কথা একদিনও শুনেছেন, তিনিই লক্ষ করেছেন, অন্তরের ভাব শ্রোতৃবর্গের হৃদয়ে প্রবেশ করাবার জন্য তিনি কীভাবে তাঁদের জীবনে নিত্যপরিচিত পদার্থ ও ঘটনাগুলিকে উপমাস্বরূপ অবলম্বন করে চিত্রের পর চিত্র এনে তাঁদের সামনে তুলে ধরতেন। এতে শ্রোতৃবর্গও তিনি যা বলছেন, তা যেন তাঁদের চোখের সামনে অভিনীত হতে প্রত্যক্ষ করতেন, এবং তাঁর কথার সত্যতায় একেবারে নিঃসন্দেহ ও পরিতৃপ্ত হয়ে যেতেন। সেইসব চিত্র তাঁর মনে তখন-তখনই কীভাবে জেগে উঠত, তা অনুধাবন করতে গিয়ে আমরা তাঁর অপূর্ব স্মৃতিকে, অদ্ভুত মেধাকে, তীক্ষ্ণ দর্শনশক্তিকে অথবা অদৃষ্টপূর্ব প্রত্যুৎপন্নমতিত্বকে কারণ বলে চিহ্নিত করি। ঠাকুর কিন্তু একমাত্র মার (শ্রীশ্রীজগদম্বার) কৃপাকেই এর কারণ বলে সর্বদা উল্লেখ করতেন; বলতেন, “মায়ের উপরে যে একান্ত নির্ভর করে, মা তার অন্তরে বসে যা বলতে হবে, তা অভ্রান্ত ইঙ্গিতে দেখিয়ে বলিয়ে নেন; এবং স্বয়ং তিনি (শ্রীশ্রীজগদম্বা) এমন করেন বলেই তার জ্ঞানভাণ্ডার কখনও শূন্য হয়ে যায় না। মা তার অন্তরে জ্ঞানের রাশি ঠেলে দিয়ে সর্বদা পূর্ণ করে রাখেন; সে যতই কেন ব্যয় করুক না, তা কখনও শূন্য হয়ে যায় না।” এই বিষয়টি বোঝাতে গিয়ে তিনি একদিন নিম্নলিখিত ঘটনাটির কথা বলেছিলেন –
দক্ষিণেশ্বর কালীবাড়ির উত্তর পাশেই ইংরেজ-রাজের বারুদ-গুদাম রয়েছে। কয়েকজন সিপাহী সেখানে নিয়ত পাহারা দেওয়ার জন্য থাকে। তারা সকলে ঠাকুরকে নিরতিশয় ভক্তি করত এবং কখনও কখনও তাঁকে তাদের বাসায় নিয়ে গিয়ে ধর্মবিষয়ক নানা প্রশ্নের মীমাংসা করে নিত। ঠাকুর বলতেন, “একদিন তারা প্রশ্ন করল, ‘সংসারে মানুষ কীভাবে থাকলে তার ধর্মলাভ হবে?’ অমনি দেখছি কী, কোথা থেকে সহসা একটি ঢেঁকির চিত্র সামনে এসে হাজির। ঢেঁকিতে শস্য কোটা হচ্ছে এবং একজন সন্তর্পণে তার গড়ে শস্যগুলি ঠেলে দিচ্ছে, দেখেই বুঝলাম, মা বুঝিয়ে দিচ্ছেন, এমনই সতর্কভাবে সংসারে থাকতে হবে। ঢেঁকির গড়ের সামনে বসে যে শস্য ঠেলে দিচ্ছে, তার যেমন সর্বদা দৃষ্টি আছে, যাতে তার হাতের উপর ঢেঁকির মুষলটি না পড়ে, তেমনই সংসারের প্রত্যেক কাজ করার সময় মনে রাখতে হবে, এ আমার সংসার বা আমার কাজ নয়, তবেই বন্ধনে পড়ে আহত ও বিনষ্ট হবে না। ঢেঁকির ছবি দেখামাত্র, মা মনে সেই কথার উদয় করে দিলেন এবং সেটাই তাদের বললাম। তারাও তা শুনে পরম পরিতুষ্ট হল। লোকের সঙ্গে কথা বলার সময় ওরকম সব ছবি সামনে এসে হাজির হয়।”
তাঁর উপদেশপ্রণালীর অন্য বিশেষত্ব
ঠাকুরের উপদেশ দেওয়ার প্রণালীতে অন্য যে বিশেষত্ব লক্ষ করা যেত, তা এই যে—তিনি বাজে বকে কখনও শ্রোতার মন গুলিয়ে দিতেন না। জিজ্ঞাসু ব্যক্তির প্রশ্নের বিষয় ও উদ্দেশ্য ধরে কয়েকটি সিদ্ধান্ত-বাক্যে তার উত্তর দিতেন, এবং সেই উত্তর তাকে হৃদয়ঙ্গম করাবার জন্য ওইভাবেই উপমাস্বরূপ চিত্রগুলি তার সামনে তুলে ধরতেন। উপদেশ-প্রণালীর এই বিশেষত্বকে আমরা সিদ্ধান্ত-বাক্যের প্রয়োগ বলে অভিহিত করছি; কারণ প্রশ্নোক্ত বিষয় সম্বন্ধে তিনি যা মনে জ্ঞানে সত্য বলে উপলব্ধি করেছিলেন, কেবলমাত্র তা-ই বলতেন, এবং সে বিষয়ের অন্য কোনো মীমাংসা যে হতে পারে না, এ কথা তিনি মুখে না বললেও তাঁর অসংকোচ বিশ্বাসে তা শ্রোতার মনে দৃঢ়মুদ্রিত হয়ে যেত। পূর্ব শিক্ষা ও সংস্কারের বশে যদি কোনো শ্রোতা তাঁর সাধনালব্ধ মীমাংসাগুলি গ্রহণ না করে বিরুদ্ধ তর্কযুক্তির অবতারণা করত, তাহলে অনেক ক্ষেত্রে তিনি “আমি যা হয় বলে গেলাম, তোমরা তার ল্যাজা-মুড়ো বাদ দিয়ে নাও না”, বলে থেমে যেতেন। এভাবে তিনি কখনও শ্রোতার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে কারও ভাবভঙ্গ করতে উদ্যত হতেন না। ভগবদিচ্ছায় শ্রোতা উন্নত অবস্থান্তরে যতদিন না পৌঁছোচ্ছে, ততদিন সে প্রশ্নোক্ত বিষয়ের যথার্থ সমাধান করতে পারে না, এই ভেবেই কি তিনি নিবৃত্ত হতেন? —বোধ হয়।
আবার তাঁর সিদ্ধান্ত-বাক্যগুলি হৃদয়ঙ্গম করাতে ঠাকুর ওইভাবে কেবলমাত্র উপমা ও চিত্রের উত্থাপন করেই ক্ষান্ত থাকতেন না; প্রশ্নোক্ত বিষয়ের তিনি যে মীমাংসা দিচ্ছেন, অন্যান্য লব্ধপ্রতিষ্ঠ সাধকেরাও সে সম্বন্ধে তেমনই মীমাংসা করে দিয়েছেন, এ কথাও তাঁদের রচিত সংগীতাদি গেয়ে এবং কখনও কখনও শাস্ত্রীয় দৃষ্টান্ত দিয়ে শ্রোতাকে শুনিয়ে দিতেন। বলা বাহুল্য, এতে সেই মীমাংসা সম্বন্ধে তার মনে আর কিছুমাত্র সন্দেহ থাকত না, এবং সে তা দৃঢ়ভাবে ধারণা করে নিজের জীবন সেইমতো পরিচালিত করতে শুরু করত।
উপলব্ধি-রহিত বাক্যচ্ছটায় ঠাকুরের বিরক্তি
আর একটি কথাও এখানে বলা প্রয়োজন। ভক্তি ও জ্ঞান উভয় মার্গের চরমেই সাধক উপাস্যের সঙ্গে নিজের অভেদত্ব উপলব্ধি করে অদ্বৈতবিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়, এ কথা ঠাকুর বারবার আমাদের বলে গেছেন। “শুদ্ধা ভক্তি ও শুদ্ধ জ্ঞান এক (পদার্থ)”—“সেখানে (চরম অবস্থায়) সব শিয়ালের এক রা (একই প্রকারের উপলব্ধির কথা বলা)”—ইত্যাদি তাঁর উক্তিগুলি এ বিষয়ে প্রমাণস্বরূপ উপস্থাপন করা যেতে পারে। এভাবে অদ্বৈতবিজ্ঞানকে চরম বলে নির্দেশ করলেও তিনি রূপরসাদি বিষয়ভোগে নিরন্তর ব্যস্ত সংসারী সাধারণ মানুষকে বিশিষ্টাদ্বৈত-তত্ত্বের কথাই সর্বদা উপদেশ দিতেন, এবং কখনও কখনও দ্বৈতভাবে ঈশ্বরে ভক্তি করার কথাও বলতে ছাড়তেন না। ভিতরে ঈশ্বরে তেমন অনুরাগ এবং উচ্চ আধ্যাত্মিক অবস্থাগুলির উপলব্ধি নেই, অথচ মুখে অদ্বৈত বা বিশিষ্টাদ্বৈতের উচ্চ উচ্চ কথা উচ্চারণ করে তর্কবিতর্ক করছে, এমন লোকদের দেখলে তাঁর বিষম বিরক্তি হত, এবং কখনও কখনও অতি কঠোর কথায় তাদের সেই কাজের নিন্দা করতে তিনি সংকুচিত হতেন না। আমাদের বন্ধু বৈকুণ্ঠনাথ সান্যালকে তিনি একদিন জিজ্ঞাসা করেছিলেন, “পঞ্চদশী-টশী পড়েছ?” বৈকুণ্ঠ তার উত্তর দিলেন, “সে কার নাম মহাশয়, আমি জানি না।” শুনেই তিনি বললেন, “বাঁচলুম, কতকগুলো জ্যাঠা ছেলে ঐসব পড়ে আসে; কিছু করবে না, অথচ আমার হাড় জ্বালায়।”
সংসারে থেকে ঈশ্বর-সাধনা সম্বন্ধে ঠাকুরের উপদেশ
আগের কথাগুলি বলার প্রয়োজন এই যে, সেদিন শ্রীযুত জয়গোপালের বাড়িতে এক ব্যক্তি ঠাকুরকে ‘সংসারে আমরা কীভাবে থাকলে ঈশ্বর-কৃপার অধিকারী হতে পারব’—এমন একটি প্রশ্ন করেছিলেন। ঠাকুর তখন বিশিষ্টাদ্বৈতবাদীর মতে তাকে উপদেশ দিয়েছিলেন, এবং তিন-চারটি শ্যামাবিষয়ক সংগীত মাঝে মাঝে গেয়ে সে কথার উত্তর দিয়েছিলেন। ঠাকুরের কথার সারসংক্ষেপ আমরা নিচে দিচ্ছি।
মানুষ যতদিন সংসারটাকে ‘আমার’ বলে দেখে কার্যানুষ্ঠান করে, ততদিন সেটাকে অনিত্য বলে বোধ করলেও সে তাতে আবদ্ধ হয়ে কষ্ট ভোগ করতে থাকে, এবং ইচ্ছা করলেও তা থেকে নিষ্কৃতির পথ দেখতে পায় না। এ কথা বলেই ঠাকুর গাইলেন, “এমনি মহামায়ার মায়া রেখেছে কী কুহক করে; ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি তা জানতে পারে” ইত্যাদি। অতএব এই অনিত্য সংসারকে ভগবানের সঙ্গে যোগ করে নিয়ে প্রত্যেক কাজ করতে হবে—এক হাতে তাঁর পাদপদ্ম ধরে রেখে অন্য হাতে কাজ করে যেতে হবে, এবং সর্বদা মনে রাখতে হবে, সংসারের সকল বস্তু ও ব্যক্তি তাঁর (ঈশ্বরের), আমার নয়। এমন করলে মায়া-মমতাদিতে কষ্ট পেতে হবে না, এবং যা কিছু করছি, তাঁরই কর্ম করছি, এই ধারণার উদয় হয়ে মন তাঁর দিকেই অগ্রসর হবে। এই কথাগুলি বোঝাতে ঠাকুর গাইলেন, “মন রে কৃষিকাজ জান না” ইত্যাদি। গান সাঙ্গ হলে আবার বলতে লাগলেন, “এভাবে ঈশ্বরকে আশ্রয় করে সংসার করলে ক্রমে ধারণা হবে, সংসারের সকল বস্তু ও ব্যক্তি তাঁরই (ঈশ্বরের) অংশ। তখন সাধক পিতা-মাতাকে ঈশ্বর-ঈশ্বরীজ্ঞানে সেবা করবে, পুত্র-কন্যার ভিতর বালগোপাল ও শ্রীশ্রীজগদম্বার প্রকাশ দেখবে, অন্য সকলকে নারায়ণের অংশ জ্ঞান করে শ্রদ্ধাভক্তির সঙ্গে ব্যবহার করবে। এই ভাব নিয়ে যিনি সংসার করেন, তিনিই আদর্শ-সংসারী, এবং তাঁর মন থেকে মৃত্যুভয় একেবারে উচ্ছিন্ন হয়ে যায়। এমন ব্যক্তি বিরল হলেও একেবারে যে দেখা যায় না, তা নয়।” পরে, এমন আদর্শে উপনীত হওয়ার উপায় দেখিয়ে দিয়ে ঠাকুর বললেন, “বিবেক-বুদ্ধিকে আশ্রয় করে সকল কাজ করতে হয়, এবং মাঝে মাঝে সংসারের কোলাহল থেকে দূরে গিয়ে সংযত চিত্তে সাধন-ভজন করে ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করতে হয়; তবেই মানুষ ওই আদর্শকে জীবনে পরিণত করতে পারে।”[1] এইভাবে উপায় দেখিয়ে দিয়ে ঠাকুর নিম্নলিখিত রামপ্রসাদী গানটি গাইলেন, ‘আয় মন বেড়াতে যাবি, কালীকল্পতরুমূলে চারি ফল কুড়ায়ে পাবি।’ আবার, ‘বিবেক-বুদ্ধি’ কথাটি প্রয়োগ করেই ঠাকুর তা কাকে বলে, সে কথা বুঝিয়ে বললেন যে, সেই বুদ্ধির সাহায্যে সাধক ঈশ্বরকে নিত্য ও সারবস্তু বলে গ্রহণ করে এবং রূপরসাদির সমষ্টিভূত জগৎকে অনিত্য ও অসার জেনে পরিত্যাগ করে। নিত্যবস্তু ঈশ্বরকে এভাবে জানার পরে কিন্তু সেই বুদ্ধিই তাকে বুঝিয়ে দেয় যে, যিনি নিত্য তিনিই লীলায় জীব ও জগৎরূপ নানা মূর্তি ধারণ করেছেন, এবং এই বুঝেই সাধক চরমে ঈশ্বরকে নিত্য ও লীলাময় উভয়ভাবে দেখতে সমর্থ হয়।
কীর্তনানন্দ
তারপর আচার্য চিরঞ্জীব একতারা বাজিয়ে “আমায় দে মা পাগল করে” সংগীতটি গাইতে শুরু করলেন, এবং সকলে তাঁকে অনুসরণ করে তা গাইতে লাগলেন। এভাবে কীর্তন আরম্ভ হলে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে উঠে দাঁড়ালেন। তখন অন্য সকলেও ঠাকুরকে ঘিরে দাঁড়িয়ে কীর্তন ও নৃত্য করতে লাগলেন। ক্রমে সে গান সাঙ্গ করে শ্রীযুত চিরঞ্জীব “চিদাকাশে হ’ল পূর্ণ প্রেমচন্দ্রোদয় রে” গানটি আরম্ভ করলেন, এবং অনেকক্ষণ পর্যন্ত তা গাইতে গাইতে নৃত্য করার পর সকলে ঈশ্বর ও তাঁর ভক্তবৃন্দকে প্রণাম করলেন; সেদিনের কীর্তন শান্ত হল ও সবাই ঠাকুরের পদধূলি নিয়ে বসলেন। এদিনও ঠাকুর মধুরভাবে নৃত্য করেছিলেন, কিন্তু শ্রীযুত মণিমোহনের বাড়িতে তাঁর যেমন অনেকক্ষণ ধরে গভীর ভাবাবেশ দেখেছিলাম, এখানে ততটা হয়নি। কীর্তন শেষে বসে ঠাকুর শ্রীযুত চিরঞ্জীবকে বললেন, “তোমার এ গানটি (‘চিদাকাশে হ’ল’ ইত্যাদি)[2]যখন প্রথম শুনেছিলাম, তখন কেউ তা গাওয়ামাত্র (ভাবাবিষ্ট হয়ে) দেখতাম, এত বড় জীবন্ত পূর্ণিমার চাঁদের উদয় হচ্ছে!”
এরপর শ্রীযুত কেশবের ব্যাধি সম্বন্ধে শ্রীযুত জয়গোপাল ও চিরঞ্জীব পরস্পরের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। আমাদের মনে আছে, শ্রীযুত রাখালের[3] শরীর সম্প্রতি খারাপ হয়েছে, এ কথা ঠাকুর এই সময়ে একজনকে বলেছিলেন। শ্রীযুত জয়গোপাল আনুষ্ঠানিক ব্রাহ্ম ছিলেন কি না বলতে পারি না, কিন্তু ব্রাহ্মনেতা কেশবচন্দ্রকে যে বিশেষ শ্রদ্ধা-ভক্তি করতেন এবং ব্রাহ্মসংঘের সকলের প্রতি বিশেষ প্রীতিসম্পন্ন ছিলেন, এ কথা নিঃসন্দেহ। কলিকাতার নিকটবর্তী বেলঘরিয়া নামে একটি জায়গায় এঁর বাগানে শ্রীযুত কেশব কখনও কখনও সদলবলে গিয়ে সাধন-ভজনে সময় কাটাতেন, এবং সেই বাগানে এমনই এক সময়ে ঠাকুরের সঙ্গে প্রথম মিলিত হওয়ার পর থেকেই শ্রীযুত কেশবের জীবনে আধ্যাত্মিকতা ক্রমে গভীর ভাব ধারণ করেছিল এবং তাতে নববিধানরূপ সুরভি কুসুম প্রস্ফুটিত হয়ে উঠেছিল। জয়গোপালও সেদিন থেকে ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধাবান হয়ে উঠেছিলেন, এবং কখনও দক্ষিণেশ্বরে তাঁর কাছে গিয়ে, কখনও বা নিজের বাড়িতে তাঁকে এনে ধর্মালাপে পরম আনন্দ পেতেন। আমরা শুনেছি, ঠাকুরের কলিকাতায় আসার গাড়িভাড়ার অনেকটা শ্রীযুত জয়গোপাল এক সময়ে বহন করতেন। তাঁর পরিবারের সকলেও ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধাসম্পন্ন ছিলেন।
তারপর রাত ক্রমে বাড়ছে দেখে আমরা ঠাকুরের কাছে বিদায় নিয়ে সেদিনের মতো বাড়ির দিকে রওনা হলাম।
[1] ঠাকুরের সেদিনকার কথার সারসংক্ষেপের কিছু অংশের জন্য আমরা শ্রদ্ধাস্পদ ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’-কারের কাছে ঋণী রইলাম।
[2] চিদাকাশে হ’ল পূর্ণ প্রেম-চন্দ্রোদয় রে
(জয় দয়াময়! জয় দয়াময়! জয় দয়াময়!)
উথলিল প্রেমসিন্ধু, কী আনন্দময়।
(আহা) চারিদিকে ঝলমল, করে ভক্ত-গ্রহদল,
ভক্তসঙ্গে ভক্তসখা লীলারসময়। (হরি)
স্বর্গের দুয়ার খুলি, আনন্দ-লহরী তুলি,
নব-বিধান বসন্ত-সমীরণ বয়;
(কিবা) ছুটে তাহে মন্দ মন্দ, লীলারস প্রেমগন্ধ,
ঘ্রাণে যোগিবৃন্দ যোগানন্দে মত্ত হয়।
ভবসিন্ধু-জলে, ‘বিধান’-কমলে,
আনন্দময়ী বিরাজে;
(কিবা) আবেশে আকুল, ভক্ত-অলিকুল,
পিয়ে সুধা তার মাঝে।
দেখ দেখ মায়ের প্রসন্ন বদন, ভুবনমোহন চিত্তবিনোদন,
পদতলে দলে দলে সাধুগণ, নাচে গায় প্রেমে হইয়া মগন;
(কিবা) অপরূপ আহা মরি মরি, জুড়াইল প্রাণ দরশন করি,
প্রেমদাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয়। (রে)
[3] স্বামী ব্রহ্মানন্দ নামে এখন যিনি শ্রীরামকৃষ্ণভক্তসংঘে পরিচিত।
ব্রাহ্মসমাজের কাছ থেকে ঠাকুরও কিছু শিখেছিলেন
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রধান আচার্য কেশবচন্দ্র থেকে আরম্ভ করে বিজয়কৃষ্ণ, প্রতাপচন্দ্র, শিবনাথ, চিরঞ্জীব, অমৃতলাল, গৌরগোবিন্দ প্রভৃতি নেতারা ঠাকুরের পুণ্যদর্শন ও সঙ্গলাভে স্বধর্মনিষ্ঠা ও ঈশ্বরার্থে সর্বস্বত্যাগরূপ আদর্শের মহত্ত্ব বিশেষভাবে হৃদয়ঙ্গম করে কতটা উপকৃত হয়েছিলেন, তা আমরা পাঠককে ইতিপূর্বে অনেকটা বলেছি। এখন প্রশ্ন হচ্ছে, কেশবপ্রমুখ ব্রাহ্মদের সংসর্গে এসে অপরোক্ষ-বিজ্ঞানসম্পন্ন, ভাবমুখে অবস্থিত ঠাকুর কি কিছু শিখেছিলেন? শ্রীরামকৃষ্ণভক্তবৃন্দের অনেকে এ কথায় ‘না’ শব্দ উচ্চারণ করতে কিছুমাত্র ইতস্তত করবেন না। কিন্তু দেখা যায়, সংসারে সর্বত্র আদানপ্রদানের নিয়ম চির-বর্তমান। একান্ত অনভিজ্ঞ তরলমতি বালককে শিক্ষা দিতে গিয়ে কেমনভাবে উপদেশ দিলে তার বুদ্ধিবৃত্তি উপদিষ্ট বিষয় শীঘ্র ধারণা করতে পারবে, তার পূর্বসংস্কারগুলি সেই বিষয় হৃদয়ঙ্গম করার পথে কতটা সহায় বা অন্তরায় হয়ে দাঁড়ায়, এবং সেগুলির অপনোদনই বা কীভাবে হওয়া সম্ভব ইত্যাদি নানা বিষয় আমরা শিখি। অতএব পাশ্চাত্যভাব ও শিক্ষারূপ ভিত্তির উপরে প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজের সংস্পর্শে এসে ঠাকুর যে কিছুই শেখেননি, এ কথা বলা নিঃসংশয়ে যুক্তিসংগত নয়। সেজন্য আমাদের ধারণা সম্পূর্ণ অন্যরকম। আমরা বলি, ব্রাহ্মসমাজ ও সংঘকে নিজের অলৌকিক সাধনলব্ধ ভাব ও আধ্যাত্মিক প্রত্যক্ষগুলি দিতে গিয়ে ঠাকুর নিজেই অনেক কথা শিখেছিলেন। অতএব তার ফলে তিনি কোন কোন বিষয়ে শিক্ষালাভ করেছিলেন, তা নিয়ে কিছু আলোচনা করা এখানে কর্তব্য।
পাশ্চাত্য ভাবের দ্বারা ভারতবাসীর জীবন কতটা পরিবর্তিত হচ্ছে তার পরিচয়প্রাপ্তি
আমরা ইতিপূর্বে দেখেছি, কেশবপ্রমুখ ব্রাহ্মদের সংসর্গে আসার আগে ঠাকুর পাশ্চাত্য ভাব ও শিক্ষার প্রভাব থেকে বহু দূরে নিজের জীবন যাপন করছিলেন। পুণ্যবতী রানী রাসমণির জামাতা মথুরানাথের কথা ছেড়ে দিলে তাঁর কাছে তখন পর্যন্ত যত লোক এসেছিল, তাদের প্রত্যেককেই তিনি সকাম প্রবৃত্তিমার্গে অথবা ভারতের সনাতন ‘ত্যাগেনৈকে অমৃতত্বমানশুঃ’-রূপ আদর্শকে ধরে জীবন পরিচালিত করতে যথাসাধ্য সচেষ্ট দেখেছিলেন। পাশ্চাত্য ভাবে শিক্ষিত মথুরানাথকে কিছুটা ভিন্নপ্রকৃতির দেখলেও সেইভাবে শিক্ষিত প্রত্যেক ভারতবাসীর জীবনই যে এমন বিপরীত বর্ণে রঞ্জিত হয়েছে, এ কথা ধারণা করার সুযোগ তাঁর হয়নি। কারণ, তাঁর পুণ্য-সঙ্গলাভে মথুরানাথের প্রকৃতি অল্পদিনেই পরিবর্তিত হওয়ায় এ নিয়ে চিন্তা করার প্রয়োজনই তাঁর হয়নি। অতএব ব্রাহ্মদের সংসর্গে এসে, তাঁদের ধর্মলাভে সচেষ্ট হয়েও ভারতের প্রাচীন ত্যাগাদর্শ থেকে বিচ্যুত দেখেই তাঁর মন এর কারণ অনুসন্ধান করতে শুরু করেছিল, এবং পাশ্চাত্যের শিক্ষা-দীক্ষা এই সময়ের ভারতবাসীর জীবনে কেমন বিপরীত ভাবরাশি আনছে, তার পরিচয় প্রথম পেয়েছিল।
পাশ্চাত্য মনীষীদের শিক্ষার সঙ্গে না মিলিয়ে এরা ভারতের ঋষিদের প্রত্যক্ষগুলি গ্রহণ করবে না
ঠাকুর বোধ হয় প্রথমে ভেবেছিলেন, তাঁর জীবন্ত ও সাক্ষাৎ-উপলব্ধ ধর্মভাবগুলির পরিচয় পেয়ে কেশবপ্রমুখ ব্রাহ্মরা অল্পদিনেই সেগুলি সম্পূর্ণভাবে গ্রহণ করবেন। কিন্তু দিনের পর যতই দিন যেতে লাগল এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ গড়ে ওঠার পরেও যখন তাঁরা পাশ্চাত্য শিক্ষার প্রভাব কাটিয়ে তাঁর আধ্যাত্মিক প্রত্যক্ষগুলিতে সম্পূর্ণ বিশ্বাসী হতে পারলেন না, তখন তিনি হৃদয়ঙ্গম করলেন, সেই প্রভাব তাঁদের মনে কতটা বদ্ধমূল হয়ে গেছে। তখনই তিনি বুঝতে পারলেন, পাশ্চাত্যের চিন্তাশীল মনীষীরা এঁদের অন্তরে গুরুর স্থান চিরকালের জন্য অধিকার করে বসেছেন এবং তাঁদের ভাব ও কথার সঙ্গে না মিলিয়ে এঁরা ভারতের আপ্তকাম ঋষিদের প্রত্যক্ষগুলি কখনও গ্রহণ করতে পারবেন না। সেজন্যই ঠাকুর এঁদের উপদেশ দেওয়ার পরেই বলতেন, “আমি যা হয় বলে গেলাম, তোমরা তার ল্যাজা-মুড়ো বাদ দিয়ে গ্রহণ কর।” এঁদের ভাবের বিরুদ্ধে না দাঁড়িয়ে তিনি এঁদের এভাবে স্বাধীনতা দিয়েছিলেন বলেই এঁরা তাঁর ভাব ও প্রত্যক্ষগুলি যথাসম্ভব গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন, এ কথা বলা বাহুল্য।
জগদম্বার ইচ্ছায় এমন হয়েছে জেনে ঠাকুরের নিশ্চিন্ত ভাব
ভারতের ঋষিদের সমষ্টীভূত ভাবঘনমূর্তি ঠাকুর কিন্তু এই ঘটনায় কিছুমাত্র বিচলিত হননি। কারণ, শ্রীশ্রীজগদম্বার ইচ্ছাকেই যিনি জগতের সবরকম ঘটনার হেতু বলে প্রাণে প্রাণে অনুভব করেছেন এবং সব বিষয়ে তাঁর আদেশ গ্রহণ করে যিনি নিজেকে সর্বাবস্থায় পরিচালিত করতে অভ্যস্ত হয়েছেন, সংসারের কোনো ঘটনা তাঁকে কখনও বিচলিত করতে পারে না। অঘটন-ঘটন-পটীয়সী ঐশী শক্তি মায়া নিজ স্বরূপ দেখিয়ে-বুঝিয়ে চিরকালের জন্য তাঁকে অচল অটল শান্তির অধিকারী করেছেন। অতএব ভারতে পাশ্চাত্য ভাব যে শ্রীশ্রীজগদম্বার ইচ্ছাতেই প্রবেশ করেছে, এবং ব্রাহ্মপ্রমুখ শিক্ষিত সম্প্রদায় যে তাঁর ইচ্ছাতেই পাশ্চাত্যভাবের হাতে ক্রীড়া-পুত্তলী হয়েছে, এ কথা সম্যক হৃদয়ঙ্গম করে ঠাকুর কী করে তাঁদের এমন দুর্বলতায় বিরক্তি প্রকাশ করবেন, অথবা নিজের অপার স্নেহ-ভালোবাসা থেকে তাঁদের বঞ্চিত করবেন? সুতরাং ঋষিদের প্রত্যক্ষ-বিজ্ঞানের এঁরা যতটা পারেন নিন, কালে শ্রীশ্রীজগদম্বা এমন লোক আনবেন—যিনি সেই বিজ্ঞান সম্পূর্ণ গ্রহণ করবেন, এ কথা ভেবে তিনি নিশ্চিন্ত মনে রইলেন।
ব্রহ্মবিজ্ঞান সমগ্রভাবে গ্রহণ করতে ব্রাহ্মরা অক্ষম বুঝে ঠাকুর কী করেছিলেন
আবার, ব্রাহ্মরা তাঁর সব কথা গ্রহণ করতে পারছেন না দেখে তিনি নিজের আধ্যাত্মিক প্রত্যক্ষগুলির অংশমাত্র তাঁদের বলেই থেমে যাননি। বরং, ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগ না করলে তাঁর পুণ্যদর্শন কখনোই লাভ হবে না—যত মত তত পথ—প্রত্যেক পথের চরমেই উপাস্যের সঙ্গে উপাসকের অভেদত্বপ্রাপ্তি—মন মুখ এক করাই সাধন—এবং ঈশ্বরের প্রতি একান্ত বিশ্বাস রেখে ও নির্ভর করে, সদসৎ বিচার করে, সর্বথা ফলকামনারহিত হয়ে সংসারে কর্তব্যকর্মগুলির অনুষ্ঠান করাই তাঁর দিকে অগ্রসর হওয়ার পথ, ইত্যাদি আধ্যাত্মিক জগতের সব গূঢ় তত্ত্বই তিনি তাঁদের কাছে সর্বদা নিঃসংকোচে প্রকাশ করতেন। কায়মনোবাক্যে ব্রহ্মচর্যপালন না করলে দেহের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হওয়া এবং আধ্যাত্মিক রাজ্যের উচ্চ উপলব্ধিগুলি প্রত্যক্ষ করা কখনও সম্ভব নয়, এ কথা কেশবপ্রমুখ কাউকে কাউকে বুঝিয়ে তিনি তাঁদের তা পালনে ব্রতী করেছিলেন। এভাবে সব কথা বারবার বলে বোঝানোর পরেও অনেকের সেসব ধারণা হচ্ছে না দেখে তিনি বুঝেছিলেন, সংস্কার বদ্ধমূল হয়ে গেলে হৃদয়ে নতুন ভাব গ্রহণ করা একপ্রকার অসম্ভব—“কাঁটি ওঠার পরে পাখিকে ‘রাধাকৃষ্ণ’ নাম শেখাতে চেষ্টা করলে প্রায়ই তা ব্যর্থ হয়” এবং পাশ্চাত্যের ইহকালসর্বস্ব জড়বাদের প্রভাবেই হোক অথবা অন্য কোনো কারণেই হোক, রূপরসাদিভোগের ভাব যাদের মনে একবার বদ্ধমূল হয়ে গেছে, ভারতের সনাতন ত্যাগাদর্শ গ্রহণ করে তারা কখনও তা জীবনে সম্যক পরিণত করতে পারবে না। সেইজন্যই তাঁর প্রাণে এই সময়ে ব্যাকুল প্রার্থনার উদয় হয়েছিল, ‘মা, তোর ত্যাগী ভক্তদের এনে দে, যাদের সঙ্গে প্রাণ খুলে তোর কথা বলে আনন্দ করতে পারি!’ অতএব দৃঢ়সংস্কারবিহীন বালকদের মনই তাঁর ভাব ও কথা সম্পূর্ণ গ্রহণ করে সেগুলির সত্যতা উপলব্ধি করতে নিঃসংকোচে অগ্রসর হবে, এ কথা ঠাকুর এই সময় থেকে বিশেষভাবে হৃদয়ঙ্গম করেছিলেন বললে যুক্তিবিরুদ্ধ হবে না।
ব্রাহ্মদের দ্বারা কলিকাতাবাসীর মন ঠাকুরের প্রতি আকৃষ্ট হওয়া; রাম ও মনোমোহনের আগমন ও আশ্রয়লাভ
সে যা হোক, কেশবপ্রমুখ ব্রাহ্মনেতারা ঠাকুরের অভিনব আধ্যাত্মিক ভাব যতটা গ্রহণ করতে পেরেছিলেন এবং তার ফলে তাঁদের ভিতর যে পরিবর্তন দেখা দিয়েছিল, তা লক্ষ করতে কলিকাতার জনসাধারণের বিলম্ব হয়নি। আবার, কেশবপ্রমুখ ব্যক্তিরা যখন ব্রাহ্মমণ্ডলী-পরিচালিত সংবাদপত্রগুলিতে ঠাকুরের আধ্যাত্মিক মতের অলৌকিকত্ব এবং তাঁর অমৃতময়ী বাণীগুলির কিছু কিছু প্রকাশ করতে লাগলেন, তখন কলিকাতার জনসাধারণ তাঁর প্রতি সমধিক আকৃষ্ট হয়ে তাঁর পুণ্য-দর্শনলাভের জন্য দক্ষিণেশ্বরে আসতে লাগল। ঠাকুরের চিহ্নিত ভক্তেরা এভাবেই দক্ষিণেশ্বর কালীবাড়িতে ক্রমে ক্রমে এসেছিলেন। আমরা শুনেছি, শ্রীযুত কেশবের সঙ্গে ঠাকুরের প্রথম সাক্ষাতের প্রায় চার বছর পরে সন ১২৮৫ সালের, ইংরেজি ১৮৭৯ খ্রিস্টাব্দের শেষ ভাগে শ্রীযুত রামচন্দ্র দত্ত ও শ্রীযুত মনোমোহন মিত্র নামে ঠাকুরের দুই গৃহস্থ ভক্ত কেশব-পরিচালিত সংবাদপত্রে তাঁর কথা পড়ে তাঁর সমীপে এসেছিলেন। ঠাকুরের পুণ্যদর্শনলাভে এঁদের জীবনে কেমন যুগান্তর ধীরে ধীরে ঘটেছিল, তা শ্রীযুত রামচন্দ্র তাঁর লেখা ‘শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনবৃত্তান্ত’-শীর্ষক বইয়ে নিজেই প্রকাশ করে গেছেন। অতএব তা আবার উল্লেখ করা নিষ্প্রয়োজন। এখানে সংক্ষেপে এ কথা বললেই চলবে যে, ঈশ্বরার্থে কাম-কাঞ্চন-ত্যাগরূপ ঠাকুরের জীবনাদর্শ সম্যক গ্রহণ করতে না পারলেও এঁরা তাঁর প্রতি ভক্তি ও শ্রদ্ধার প্রভাবে ত্যাগের পথে অনেক দূর অগ্রসর হয়ে কৃতার্থ হয়েছিলেন। সৎকর্মের অনুষ্ঠানে দুঃখোপার্জিত অর্থের অকাতর ব্যয় দেখেই গৃহী ব্যক্তির ভক্তি-বিশ্বাসের তারতম্য অনেকাংশে নিরূপণ করা যায়। প্রথমে গুরুর এবং পরে ইষ্টের স্থানে ঠাকুরকে বসিয়ে শ্রীযুত রামচন্দ্র তাঁকে ও তাঁর ভক্তদের কলিকাতার সিমলা নামের পাড়ায় নিজের বাড়িতে বারবার এনে উৎসবাদিতে যেমন অকাতরে ব্যয় করতেন, তা থেকে বোঝা যেত, তাঁর বিশ্বাস-ভক্তি ক্রমে কত গভীর হয়ে উঠেছিল। ঠাকুর তাঁর সম্বন্ধে কখনও কখনও বলতেন, “রামকে এখন এত মুক্তহস্ত দেখছ, যখন প্রথম এসেছিল তখন এমন কৃপণ ছিল যে, বলবার নয়; এলাচ আনতে বলেছিলাম, তা শুনে একদিন এক পয়সার শুকনো এলাচ এনে সামনে রেখে প্রণাম করেছিল! রামের স্বভাবের কতটা পরিবর্তন হয়েছে, তা এ থেকে বোঝো।”
ঠাকুরের অদ্ভুত দর্শন ও রাখালচন্দ্রের আগমন
ঠাকুর যখন রাম ও মনোমোহনকে আপনজন জেনে নিজের অভয় আশ্রয়ে চিরকালের জন্য গ্রহণ করেছিলেন, তখন তাঁর অহৈতুকী করুণার অধিকারী হয়ে তাঁরা কতটা কৃতার্থম্মন্য হয়েছিলেন, তা বলবার নয়। সংসারে এমন আশ্রয় যে কখনও পাওয়া সম্ভব, এ কথা তাঁদের স্বপ্নেরও অগোচর ছিল। সুতরাং তাঁরা যে এখন নিজেদের আত্মীয়-কুটুম্ব, বন্ধু-বান্ধব সকলকে সেই আশ্রয় গ্রহণ করাতে চেষ্টা করবেন, এতে আশ্চর্য কী? দেখাও যায়, ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতের এক বছরের মধ্যেই তাঁরা নিজ নিজ আত্মীয়-পরিজনদের ক্রমে ক্রমে দক্ষিণেশ্বরে তাঁর শ্রীপদপ্রান্তে নিয়ে এসেছেন। এমনি করে সন ১২৮৮ সালের শেষ ভাগ, ইংরেজি ১৮৮১ খ্রিস্টাব্দ থেকে ঠাকুরের লীলাসহচর ত্যাগী ভক্তবৃন্দ একে একে তাঁর কাছে এসেছিলেন। আমরা শুনেছি, শ্রীরামকৃষ্ণসংঘে সুপরিচিত স্বামী ব্রহ্মানন্দই ঠাকুরের কাছে প্রথম এসেছিলেন।[1] পূর্বজীবনে এঁর নাম শ্রীরাখালচন্দ্র ছিল, শ্রীযুত মনোমোহনের বোনের সঙ্গে ইনি পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন এবং সেই বিবাহের অল্পদিন পরেই ঠাকুরের নাম শুনে তাঁর কাছে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, “রাখাল আসার কয়েকদিন আগে দেখছি, মা (শ্রীশ্রীজগদম্বা) একটি বালককে এনে সহসা আমার কোলে বসিয়ে দিয়ে বলছেন, ‘এইটি তোমার পুত্র!’ —শুনে আতঙ্কে শিউরে উঠে বললাম, ‘সে কী? —আমার আবার ছেলে কী?’ তিনি তা শুনে হেসে বুঝিয়ে দিলেন ‘সাধারণ সংসারিভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র।’ তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরই রাখাল এসে হাজির হল এবং বুঝলাম এই সেই বালক!”
রাখালের বালকভাব
শ্রীযুত রাখালের সম্বন্ধে অন্য এক সময়ে ঠাকুর আমাদের বলেছিলেন, “তখন তখন রাখালের এমন ভাব ছিল—ঠিক যেন তিন-চার বছরের ছেলে! আমাকে ঠিক মায়ের মতো দেখত। থাকত, থাকত, সহসা দৌড়ে এসে কোলে বসে পড়ত এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তনপান করত! বাড়ি তো দূরের কথা, এখান থেকে কোথাও এক পা নড়তে চাইত না। তার বাপ পাছে এখানে আসতে না দেয়, সেজন্য কত বলে বুঝিয়ে এক-একবার বাড়িতে পাঠাতাম। বাপ জমিদার, অগাধ পয়সা, কিন্তু বড় কৃপণ ছিল; প্রথম প্রথম নানাভাবে চেষ্টা করেছিল—যাতে ছেলে এখানে আর না আসে; পরে যখন দেখল, এখানে ধনী, বিদ্বান লোক সব আসে, তখন আর ছেলের আসায় আপত্তি করত না। ছেলের জন্য কখনও কখনও এখানে এসেও হাজির হয়েছিল। তখন রাখালের জন্য তাকে বিশেষ আদর-যত্ন করে সন্তুষ্ট করে দিয়েছিলাম।”
রাখালের পত্নী
“শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু রাখালের এখানে আসা সম্বন্ধে কখনও আপত্তি ওঠেনি। কারণ, মনোমোহনের মা, স্ত্রী, বোনেরা, সকলের এখানে আসা-যাওয়া ছিল। রাখাল আসার কিছুদিন পরে যেদিন মনোমোহনের মা রাখালের বালিকা বধূকে সঙ্গে নিয়ে এখানে এল, সেদিন মনে হল বধূর সংসর্গে আমার রাখালের ঈশ্বরভক্তির হানি হবে না তো? —ভেবে, তাকে কাছে আনিয়ে পা থেকে মাথার চুল পর্যন্ত শারীরিক গঠনভঙ্গি তন্ন তন্ন করে দেখলাম এবং বুঝলাম ভয়ের কারণ নেই, দেবীশক্তি, স্বামীর ধর্মপথের অন্তরায় কখনও হবে না। তখন সন্তুষ্ট হয়ে নহবতে (শ্রীশ্রীমাতাঠাকুরানীকে) বলে পাঠালাম, টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে।”
রাখালের বালকভাবের হানি
“আমাকে পেলে আত্মহারা হয়ে রাখালের ভিতর যে কীরকম বালকভাবের আবেশ হত, তা বলে বোঝাবার নয়। তখন যে-ই তাকে অমন দেখত, সে-ই অবাক হয়ে যেত! আমিও ভাবাবিষ্ট হয়ে তাকে ক্ষীর-ননী খাওয়াতাম, খেলা দিতাম। কত সময় কাঁধেও তুলেছি! —তাতেও তার মনে বিন্দুমাত্র সংকোচের ভাব আসত না! তখনই কিন্তু বলেছিলাম বড় হয়ে স্ত্রীর সঙ্গে একত্র বাস করলে তার এই বালকের মতো ভাবটি আর থাকবে না।”
রাখালকে শাসন
“অন্যায় করলে তাকে শাসনও করতাম। একদিন কালীঘর থেকে প্রসাদী মাখন আনলে সে খিদে পেয়ে নিজেই তা নিয়ে খেয়েছিল! তা দেখে বলেছিলাম, ‘তুই তো ভারি লোভী, এখানে এসে কোথায় লোভ ত্যাগ করতে চেষ্টা করবি, তা না করে নিজেই মাখন নিয়ে খেলি?’ সে ভয়েই জড়সড় হয়ে গিয়েছিল ও আর কখনও অমন করেনি।”
রাখালের মনে হিংসা ও ঠাকুরের ভয়
“রাখালের মনে তখন বালকের মতো হিংসাও ছিল। তাকে ছাড়া আর কাউকে আমি ভালোবাসলে সে সহ্য করতে পারত না। অভিমানে তার মন ভরে উঠত। তাতে আমার কখনও কখনও তার জন্য ভয় হত। কারণ, মা (শ্রীশ্রীজগদম্বা) যাদের এখানে আনছেন, তাদের উপর হিংসা করে পাছে তার অকল্যাণ হয়।”
রাখালের শ্রীবৃন্দাবন গমন
“এখানে আসার প্রায় তিন বছর পরে রাখালের শরীর অসুস্থ হওয়ায় সে বলরামের সঙ্গে শ্রীবৃন্দাবনে গিয়েছিল। এর কিছু আগে দেখেছিলাম, মা যেন তাকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। তখন ব্যাকুল হয়ে প্রার্থনা করেছিলাম, ‘মা, ও (রাখাল) ছেলেমানুষ, বোঝে না, তাই কখনও কখনও অভিমান করে, যদি তোর কাজের জন্য ওকে এখান থেকে কিছুদিনের জন্য সরিয়ে দিস, তা হলে ভালো জায়গায় মনের আনন্দে রাখিস।’ এর অল্পদিন পরেই তার বৃন্দাবনে যাওয়া হয়।”
রাখালের অসুস্থতায় ঠাকুরের ভয়
“বৃন্দাবনে থাকার সময় রাখালের অসুখ হয়েছে শুনে কত ভাবনা হয়েছিল, তা বলতে পারি না। কারণ, এর আগে মা দেখিয়েছিলেন, রাখাল সত্যি সত্যিই ব্রজের রাখাল! যেখান থেকে যে এসে শরীর ধারণ করেছে, সেখানে গেলে প্রায়ই তার পূর্বকথা মনে পড়ে সে শরীরত্যাগ করে। সেইজন্য ভয় হয়েছিল, পাছে শ্রীবৃন্দাবনে রাখালের শরীর যায়। তখন মা-র কাছে কাতর হয়ে কত প্রার্থনা করি এবং মা অভয়দানে আশ্বস্ত করেন। রাখালের সম্বন্ধে মা এরকম কত কী দেখিয়েছেন। তার অনেক কথা বলতে নিষেধ আছে।”[2]
রাখালের ভবিষ্যৎ জীবন
এভাবে ঠাকুর তাঁর প্রথমলব্ধ বালকভক্তের সম্বন্ধে কত সময় কত বলেছেন, তার ইয়ত্তা নেই। মা তাঁকে তার সম্বন্ধে যা দেখিয়েছিলেন তা বর্ণে বর্ণে সফল হয়েছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বালকটি ধীর গম্ভীর সাধক-শ্রেণিভুক্ত হয়ে ক্রমে ঈশ্বরার্থে সংসারের সর্বস্ব ত্যাগ করে শ্রীরামকৃষ্ণসংঘের শীর্ষস্থান অধিকার করে বসেছিল।
নরেন্দ্রনাথের আগমন
শ্রীমৎ ব্রহ্মানন্দ স্বামীর দক্ষিণেশ্বরে প্রথম আগমনের তিন-চার মাস পরেই পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে এসেছিলেন। তাঁর কথাই এখন আমরা পাঠককে বলতে শুরু করব।
[1] ত্যাগী ভক্তদের কেউ কেউ আগেও এসেছিলেন – ‘কথামৃত’, ১ম ভাগ, ৬ পৃঃ; ‘লীলাপ্রসঙ্গ – সাধকভাব’, পরিশিষ্ট, ২২ পৃঃ; ‘ঐ গুরুভাব, পূর্বার্ধ’, ২৯ পৃঃ; ‘ভক্ত মনোমোহন’, ৩২ পৃঃ; স্বামী তুরীয়ানন্দের ১৯।৯।১৭ তাঃ-এর পত্র দ্রষ্টব্য। – প্রঃ
[2] শ্রীযুত রাখালের সম্বন্ধে উপরের কথাগুলি ঠাকুর একই সময়ে আমাদের কাছে না বললেও পাঠকদের সুবিধার জন্য আমরা সেগুলি এখানে ধারাবাহিকভাবে সাজিয়ে দিলাম।
দিব্যভাবারূঢ় ঠাকুরের মানসিক অবস্থার আলোচনা
বেদপ্রমুখ শাস্ত্র বলেছেন, ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ হন—ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত ঠাকুরের এই সময়ের আচরণ দেখে সেই শাস্ত্রবাক্য যে ধ্রুবসত্য, তা বোঝা যায়। কারণ, দেখা যায়, তিনি যে এখন কেবলমাত্র ব্রহ্মের সগুণ-নির্গুণ উভয় ভাবের এবং ব্রহ্মশক্তি মায়ার সঙ্গে সাক্ষাৎ-সম্বন্ধে পরিচিত হয়ে সকলপ্রকার সংশয় ও মলিনতার পরপারে গিয়ে নিজে সদানন্দে অবস্থান করছেন তা নয়; ভাবমুখে সর্বদা অবস্থান করে মায়ার রাজ্যের যে গূঢ় রহস্য যখনই জানতে ইচ্ছা করছেন, তখনই তা জানতেও পারছেন। তাঁর সুসূক্ষ্মদৃষ্টিসম্পন্ন মনের সামনে মায়া আর নিজস্বরূপ গোপন করে রাখতে পারছে না। এমন হওয়ারই কথা। কারণ, ভাবমুখ ও মায়াধীশ ঈশ্বরের বিরাট মন—যাতে বিশ্বরূপ-কল্পনা কখনও প্রকাশিত এবং কখনও বিলুপ্তভাবে অবস্থান করে—উভয়ই একই পদার্থ; এবং যিনি নিজের ক্ষুদ্র আমিত্বের গণ্ডি অতিক্রম করে তার সঙ্গে একীভূত হয়ে অবস্থান করতে সক্ষম হয়েছেন, বিরাট মনে উদিত সমুদয় কল্পনাই তাঁর সামনে প্রতিভাত হয়। এই অবস্থায় পৌঁছতে পেরেছিলেন বলেই ঠাকুর তাঁর ভক্তদের আসার আগেই নিজের পূর্ব পূর্ব জন্মের কথা জেনে নিয়েছিলেন। বিরাট মনের কোন বিশেষ লীলাপ্রকাশের জন্য তাঁর বর্তমান শরীরধারণ, তা জানতে পেরেছিলেন। সেই লীলার পুষ্টির জন্য কয়েকজন উচ্চশ্রেণির সাধক ব্যক্তি ঈশ্বরেচ্ছায় জন্ম-পরিগ্রহ করেছেন, এ কথা জেনেছিলেন। তাঁদের মধ্যে কোন কোন ব্যক্তি সেই লীলাপ্রকাশে তাঁকে কমবেশি সহায়তা করবেন এবং কারাই বা তার ফলভোগী মাত্র হয়ে কৃতার্থ হবেন, তা বুঝতে সমর্থ হয়েছিলেন, এবং সেই সব ভক্তের আসার সময় হয়ে এসেছে জেনে তাঁদের জন্য সাগ্রহে প্রতীক্ষা করছিলেন। মায়ার রাজ্যের অন্তরে থেকে এই সব গূঢ় রহস্য যিনি জানতে সক্ষম হয়েছিলেন, তাঁকে সর্বজ্ঞ ছাড়া আর কী বলা যেতে পারে?
সুরেন্দ্রের বাড়িতে ঠাকুর ও নরেন্দ্রনাথের পরস্পরকে প্রথম দর্শন
নিজের চিহ্নিত ভক্তদের আসার সময় হয়ে এসেছে জেনে দিব্যভাবারূঢ় ঠাকুর এই সময়ে তাদের জন্য কেমন আগ্রহে প্রতীক্ষা করেছিলেন, তা তাঁর কাছে শ্রীস্বামী বিবেকানন্দের প্রথম আগমনের কথা অনুধাবন করলে বিলক্ষণ বোঝা যায়। স্বামী ব্রহ্মানন্দ বলেন, তিনি যে সময়ে ঠাকুরের কাছে আসেন, প্রায় সেই সময়েই কলিকাতার সিমলা পাড়ার বাসিন্দা শ্রীসুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের পুণ্যদর্শন পেয়ে ধন্য হয়েছিলেন। প্রথম দর্শনের দিন থেকেই শ্রীযুত সুরেন্দ্র ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং অল্পদিনেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ গড়ে ওঠায় তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আনন্দোৎসবের আয়োজন করেন। সুকণ্ঠ গায়কের অভাব হওয়ায় সুরেন্দ্রনাথ সেদিন প্রতিবেশী শ্রীযুত বিশ্বনাথ দত্তের পুত্র শ্রীমান নরেন্দ্রনাথকে ঠাকুরের কাছে ভজন গাওয়ার জন্য নিজের বাড়িতে সাদরে ডেকেছিলেন। এভাবে ঠাকুর ও তাঁর প্রধান লীলাসহায়ক স্বামী বিবেকানন্দ পরস্পরকে প্রথম দর্শন করেছিলেন। তখন সন ১২৮৮ সালের হেমন্তের শেষভাগ—ইং ১৮৮১ খ্রিস্টাব্দের নভেম্বর হবে; এবং আঠারো বছরের নরেন্দ্রনাথ সেই বছর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এফ্.এ. পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন।
নরেন্দ্রকে দক্ষিণেশ্বরে যেতে ঠাকুরের আমন্ত্রণ
স্বামী ব্রহ্মানন্দ বলেন, নরেন্দ্রনাথকে সেদিন দেখামাত্র ঠাকুর যে তাঁর প্রতি বিশেষ আকৃষ্ট হয়েছিলেন, তা বোঝা যায়। কারণ, প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে রামচন্দ্রকে কাছে ডেকে সুগায়ক যুবকের পরিচয় যতদূর সম্ভব জেনে নেন এবং একদিন তাঁকে দক্ষিণেশ্বরে তাঁর কাছে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। আবার ভজন সাঙ্গ হলে নিজে যুবকের কাছে এসে তাঁর অঙ্গলক্ষণগুলি বিশেষভাবে নিরীক্ষণ করতে করতে তাঁর সঙ্গে দু-একটি কথা বলে অবিলম্বে একদিন দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ করেছিলেন।
নরেন্দ্রের বিবাহ করতে অসম্মতি ও দক্ষিণেশ্বরে প্রথম আগমন
সেই ঘটনার কয়েক সপ্তাহ পরেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এফ্.এ. পরীক্ষা হয়ে গেল এবং নরেন্দ্রনাথের পিতা শহরের কোনো এক সম্ভ্রান্ত ব্যক্তির অনুরোধে তাঁর কন্যার সঙ্গে নিজের পুত্রের বিবাহ দেওয়ার চেষ্টা করতে লাগলেন। শোনা যায়, পাত্রী শ্যামবর্ণ ছিল বলে কন্যার পিতা সেই বিবাহে দশ হাজার টাকা দিতে রাজি হয়েছিলেন। রামচন্দ্র দত্ত প্রমুখ নরেন্দ্রনাথের আত্মীয়স্বজন তাঁর পিতার তাগিদে তাঁকে এ বিবাহে রাজি করানোর জন্য অশেষ চেষ্টা করেছিলেন। কিন্তু নরেন্দ্রনাথের বিষম আপত্তিতে সে বিবাহ হয়নি। রামচন্দ্র নরেন্দ্রনাথের পিতার সংসারে প্রতিপালিত হয়ে ক্রমে চিকিৎসক হয়েছিলেন এবং তাঁর দূরসম্পর্কের আত্মীয় ছিলেন। ধর্মভাবের প্রেরণায় নরেন্দ্র বিবাহ করলেন না, এ কথা বুঝতে পেরে তিনি তখন একদিন তাঁকে বলেছিলেন, “যদি ধর্মলাভ করতে তোমার যথার্থ বাসনা হয়ে থাকে, তাহলে ব্রাহ্মসমাজ প্রভৃতি জায়গায় ঘুরে না বেড়িয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে চলো।” প্রতিবেশী সুরেন্দ্রনাথও এই সময়ে একদিন তাঁকে নিজের সঙ্গে গাড়ি করে দক্ষিণেশ্বরে যেতে নিমন্ত্রণ করেন। নরেন্দ্রনাথ তাতে রাজি হয়ে দুই-তিনজন বন্ধু নিয়ে সুরেন্দ্রনাথের সঙ্গে দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন।
নরেন্দ্রকে দেখে ঠাকুরের যা মনে হয়েছিল
নরেন্দ্রনাথকে দেখে সেদিন ঠাকুরের যা মনে হয়েছিল, কথাপ্রসঙ্গে তা তিনি একদিন সংক্ষেপে আমাদের এভাবে বলেছিলেন –
“পশ্চিমের (গঙ্গার দিকের) দরজা দিয়ে নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকেছিল। দেখলাম, নিজের শরীরের দিকে লক্ষ নেই, মাথার চুল ও বেশভূষার কোনো পারিপাট্য নেই, বাইরের কোনো পদার্থেই সাধারণ মানুষের মতো একটা আঁট নেই, সবই যেন তার আলগা এবং চোখ দেখে মনে হল তার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা জোর করে টেনে রেখেছে! দেখে মনে হল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্ত্বগুণী আধার থাকাও সম্ভব!
“মেঝেতে মাদুর পাতা ছিল, বসতে বললাম। যেখানে গঙ্গাজলের জালাটি রয়েছে, তার কাছেই বসল। তার সঙ্গে সেদিন দু-চারজন আলাপী ছোকরাও এসেছিল। বুঝলাম, তাদের স্বভাব সম্পূর্ণ বিপরীত—সাধারণ বিষয়ী লোকের যেমন হয়; ভোগের দিকেই দৃষ্টি।”
নরেন্দ্রের গান
“গান গাওয়ার কথা জিজ্ঞাসা করে জানলাম, বাংলা গান সে দু-চারটি মাত্র তখন শিখেছে। তা-ই গাইতে বললাম, তখন সে ব্রাহ্মসমাজের ‘মন চল নিজ নিকেতনে’[1] গানটি ধরল ও ষোলো আনা মনপ্রাণ ঢেলে ধ্যানস্থ হয়ে যেন সেটা গাইতে লাগল—শুনে আর সামলাতে পারলাম না, ভাবাবিষ্ট হয়ে পড়লাম।”
নরেন্দ্রকে দেখার জন্য ঠাকুরের ব্যাকুলতা
“পরে সে চলে গেলে, তাকে দেখার জন্য প্রাণের ভিতরটা চব্বিশঘণ্টা এমন ব্যাকুল হয়ে রইল যে, বলবার নয়। সময়ে সময়ে এমন যন্ত্রণা হত যে, মনে হত বুকের ভিতরটা যেন কে গামছা নিংড়ানোর মতো জোর করে নিংড়াচ্ছে! তখন নিজেকে আর সামলাতে পারতাম না, ছুটে বাগানের উত্তরাংশের ঝাউতলায়, যেখানে কেউ বড় একটা যায় না, গিয়ে ‘ওরে তুই আয়রে, তোকে না দেখে আর থাকতে পারচি না’ বলে ডাক ছেড়ে কাঁদতাম! খানিকটা এভাবে কেঁদে তবে নিজেকে সামলাতে পারতাম! ক্রমান্বয়ে ছয় মাস এমন হয়েছিল! আর সব ছেলেরা যারা এখানে এসেছে, তাদের কারও কারও জন্য কখনও কখনও মন কেমন করেছে, কিন্তু নরেন্দ্রের জন্য যেমন হয়েছিল, তার তুলনায় সে কিছুই নয় বললে চলে।”
ঠাকুরের সেদিনের কথা ও ব্যবহার সম্বন্ধে নরেন্দ্রের বিবরণ
নরেন্দ্রনাথকে প্রথম দিন দক্ষিণেশ্বরে দেখে ঠাকুরের মনে যে অপূর্ব ভাবের উদয় হয়েছিল, তার অনেকটা ঢেকে যে তিনি ওইভাবে আমাদের কাছে বলেছিলেন, তা আমরা পরে বিশ্বস্তসূত্রে জেনেছি। শ্রীযুত নরেন্দ্রনাথ একদিন সেই দিনের কথাপ্রসঙ্গে আমাদের বলেছিলেন –
“গান তো গাইলাম, তার পরেই ঠাকুর সহসা উঠে আমার হাত ধরে তাঁর ঘরের উত্তরে যে বারান্দা আছে, সেখানে নিয়ে গেলেন। তখন শীতকাল, উত্তরে-হাওয়া নিবারণের জন্য সেই বারান্দার থামের মাঝের ফাঁকগুলি ঝাঁপ দিয়ে ঘেরা ছিল; সুতরাং তার ভিতরে ঢুকে ঘরের দরজাটি বন্ধ করে দিলে ঘরের ভিতরের বা বাইরের কোনো লোককে দেখা যেত না। ঠাকুর বারান্দায় ঢুকেই ঘরের দরজাটি বন্ধ করে দিলেন দেখে ভাবলাম, আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দেবেন। কিন্তু যা বললেন ও করলেন, তা একেবারে কল্পনাতীত। সহসা আমার হাত ধরে দরদর ধারায় আনন্দাশ্রু ফেলতে লাগলেন এবং পূর্বপরিচিতের মতো আমাকে পরম স্নেহে সম্বোধন করে বলতে লাগলেন, ‘এতদিন পরে আসতে হয়? আমি তোমার জন্য কেমন করে প্রতীক্ষা করে আছি, তা একবার ভাবতে নেই? বিষয়ী লোকের বাজে প্রসঙ্গ শুনতে শুনতে আমার কান ঝলসে যাবার উপক্রম হয়েছে; প্রাণের কথা কাউকে বলতে না পেয়ে আমার পেট ফুলে আছে!’ —ইত্যাদি কত কথা বলেন ও কাঁদেন! পরক্ষণেই আবার আমার সামনে করজোড়ে দাঁড়িয়ে দেবতার মতো আমার প্রতি সম্মান দেখিয়ে বলতে লাগলেন, ‘জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীরধারণ করেছ’ ইত্যাদি!”
নরেন্দ্রের আবার আসার প্রতিশ্রুতি
“আমি তো তাঁর এমন আচরণে একেবারে নির্বাক—স্তম্ভিত! মনে মনে ভাবতে লাগলাম, এ কাকে দেখতে এসেছি, এ তো একেবারে উন্মাদ—না হলে বিশ্বনাথ দত্তের ছেলে আমি, আমাকে এই সব কথা বলে? যা হোক, চুপ করে রইলাম, অদ্ভুত পাগল যা ইচ্ছা বলে যেতে লাগলেন। পরক্ষণে আমাকে সেখানে থাকতে বলে তিনি ঘরের ভিতরে ঢুকলেন এবং মাখন, মিছরি ও কতকগুলি সন্দেশ এনে আমাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। আমি যত বলতে লাগলাম, ‘আমাকে খাবারগুলি দিন। আমি সঙ্গীদের সঙ্গে ভাগ করে খাইগে’, তিনি তা কিছুতেই শুনলেন না। বললেন, ‘ওরা খাবে এখন, তুমি খাও।’ —বলে সবগুলি আমাকে খাইয়ে তবে থামলেন। পরে হাত ধরে বললেন, ‘বলো, তুমি শিগগির একদিন এখানে আমার কাছে একা আসবে?’ তাঁর এমন একান্ত অনুরোধ এড়াতে না পেরে অগত্যা ‘আসব’ বললাম এবং তাঁর সঙ্গে ঘরের ভিতরে ঢুকে সঙ্গীদের কাছে বসলাম।”
প্রথম দর্শনে ঠাকুরের সম্বন্ধে নরেন্দ্রের ধারণা—ইনি অর্ধোন্মাদ কিন্তু ঈশ্বরার্থে যথার্থই সর্বস্বত্যাগী
“বসে তাঁকে লক্ষ করতে লাগলাম ও ভাবতে লাগলাম। দেখলাম, তাঁর চালচলনে, কথাবার্তায়, অন্য সকলের সঙ্গে আচরণে উন্মাদের মতো কিছুই নেই। তাঁর সদালাপ ও ভাবসমাধি দেখে মনে হল, সত্যি সত্যিই ইনি ঈশ্বরার্থে সর্বত্যাগী এবং যা বলছেন, তা নিজে সাধন করেছেন। ‘তোমাদের যেমন দেখছি, তোমাদের সঙ্গে যেমন কথা বলছি, এভাবে ঈশ্বরকে দেখা যায় ও তাঁর সঙ্গে কথা বলা যায়, কিন্তু তা করতে চায় কে? লোকে স্ত্রীপুত্রের শোকে ঘটি ঘটি চোখের জল ফেলে, বিষয় বা টাকার জন্য ওরকম করে, কিন্তু ঈশ্বরকে পেলাম না বলে অমন কে করে বলো? তাঁকে পেলাম না বলে যদি তেমন ব্যাকুল হয়ে কেউ তাঁকে ডাকে, তাহলে তিনি নিশ্চয় তাকে দেখা দেন’—তাঁর মুখে ওই সব কথা শুনে মনে হল, তিনি অন্য ধর্মপ্রচারকদের মতো কল্পনা বা রূপকের সাহায্য নিয়ে এমন বলছেন না, সত্যি সত্যিই সর্বস্ব ত্যাগ করে এবং সম্পূর্ণ মন দিয়ে ঈশ্বরকে ডেকে যা প্রত্যক্ষ দেখেছেন, তা-ই বলছেন। তখন তাঁর আগের আচরণের সঙ্গে ওই সব কথার সামঞ্জস্য করতে গিয়ে, এবারক্রম্বি প্রমুখ ইংরেজ দার্শনিকেরা তাঁদের গ্রন্থে যে-সব অর্ধোন্মাদের (monomaniac) উল্লেখ করেছেন, সেই সব দৃষ্টান্ত মনে পড়ল এবং দৃঢ়নিশ্চয় করলাম, ইনিও তেমনই হয়েছেন। এমন নিশ্চয় করেও কিন্তু এঁর ঈশ্বরার্থে অদ্ভুত ত্যাগের মহিমা ভুলতে পারলাম না। নির্বাক হয়ে ভাবতে লাগলাম, উন্মাদ হলেও এ ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী এবং সেজন্য মানবহৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মান পাওয়ার যথার্থ অধিকারী! এই সব ভাবতে ভাবতে সেদিন তাঁর চরণবন্দনা করে ও তাঁর কাছে বিদায় নিয়ে কলিকাতায় ফিরে এলাম।”
যাঁকে দেখেই ঠাকুরের মনে এমন অদৃষ্টপূর্ব ভাবের উদয় হয়েছিল, তাঁর পূর্বকথা জানতে পাঠকের স্বভাবতই কৌতূহল হবে, এজন্য আমরা এখন সংক্ষেপে তার আলোচনা শুরু করছি।
নরেন্দ্রের এই সময়ের ধর্মানুষ্ঠান
শ্রীযুত নরেন্দ্র তখন কেবলমাত্র বিদ্যার্জনে এবং সংগীতশিক্ষায় দিন কাটাচ্ছিলেন না—ধর্মভাবের তীব্র প্রেরণায় অখণ্ড ব্রহ্মচর্য পালন ও কঠোর তপস্যাও করছিলেন। তিনি নিরামিষভোজী হয়ে মাটিতে অথবা কম্বলশয্যায় রাত কাটাচ্ছিলেন। তাঁর পৈতৃক বাড়ির কাছেই তাঁর দিদিমার একখানি ভাড়াটে বাড়ি ছিল; প্রবেশিকা পরীক্ষার পর থেকে সেই বাড়ির বাইরের দিকের দোতলার একটি ঘরেই তিনি প্রধানত বাস করতেন। যখন কোনো কারণে সেখানে থাকার অসুবিধা হত, তখন সেই বাড়ির কাছে একখানি ঘর ভাড়া করে আত্মীয়স্বজন ও পরিবারের লোকজন থেকে দূরে আলাদাভাবে বাস করে তিনি নিজের উদ্দেশ্যসাধনে লেগে থাকতেন। তাঁর সদাশয় পিতা ও বাড়ির অন্য সকলে জানতেন, বাড়িতে অনেক লোকজনের নানা গণ্ডগোলে পড়াশোনার সুবিধা হয় না বলেই তিনি আলাদা থাকেন।
ব্রাহ্মসমাজে যাতায়াত
শ্রীযুত নরেন্দ্রনাথ তখন ব্রাহ্মসমাজেও যাতায়াত করছিলেন এবং নিরাকার সগুণ-ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী হয়ে তাঁর ধ্যানে অনেক সময় কাটাতেন। তর্কযুক্তি দিয়ে কেবল নিরাকার ঈশ্বরের প্রতিষ্ঠা করেই তিনি সাধারণ মানুষের মতো সন্তুষ্ট থাকতে পারেননি। পূর্ব পুণ্যসংস্কারসমূহের প্রেরণায় তাঁর প্রাণ তাঁকে নিরন্তর বলছিল—যদি শ্রীভগবান সত্যি সত্যিই থাকেন, তাহলে মানব-হৃদয়ের ব্যাকুল আহ্বানে তিনি কখনও নিজ স্বরূপ গোপন করে রাখবেন না, তাঁকে লাভ করার পথ তিনি নিশ্চয়ই করে রেখেছেন, এবং তাঁকে লাভ করা ছাড়া অন্য উদ্দেশ্যে জীবনধারণ করা বিড়ম্বনা মাত্র। আমাদের মনে আছে, এক সময়ে তিনি আমাদের বলেছিলেন –
নরেন্দ্রের অদ্ভুত কল্পনাদ্বয়
“যৌবনে পদার্পণ করার পর থেকে প্রতি রাতে শুলেই দুটি কল্পনা আমার চোখের সামনে ফুটে উঠত। একটিতে দেখতাম, যেন আমার অশেষ ধন-জন-সম্পদ ঐশ্বর্যাদি লাভ হয়েছে, সংসারে যাদের বড় লোক বলে, তাদের শীর্ষস্থানে যেন আরূঢ় হয়ে রয়েছি, মনে হত তেমন হওয়ার শক্তি আমার মধ্যে সত্যি সত্যিই রয়েছে। আবার পরক্ষণে দেখতাম, আমি যেন পৃথিবীর সর্বস্ব ত্যাগ করে একমাত্র ঈশ্বরেচ্ছায় নির্ভর করে কৌপীনধারণ, যদৃচ্ছালব্ধ ভোজন এবং গাছতলায় রাত্রিবাসে কাল কাটাচ্ছি। মনে হত, ইচ্ছা করলে আমি সেভাবে ঋষিমুনিদের মতো জীবনযাপন করতে পারি। এমনি করে দুই রকমে জীবন গড়ার ছবি কল্পনায় জাগত, পরিশেষে দ্বিতীয়টিই হৃদয় অধিকার করে বসত। ভাবতাম, এভাবেই মানুষ পরমানন্দ লাভ করতে পারে, আমি তেমনই করব। তখন সেরকম জীবনের সুখ ভাবতে ভাবতে ঈশ্বরচিন্তায় মন নিমগ্ন হত এবং ঘুমিয়ে পড়তাম। আশ্চর্যের বিষয়, অনেক দিন ধরে রোজই এমন হয়েছিল!”
নরেন্দ্রের স্বাভাবিক ধ্যানানুরাগ
ধ্যানকেই নরেন্দ্রনাথ ঈশ্বরলাভের একমাত্র প্রশস্ত পথ বলে এই বয়সেই নিজে থেকে ধারণা করেছিলেন। এ যে তাঁর পূর্বসংস্কারজ জ্ঞান, তা বেশ বোঝা যায়। তাঁর বয়স যখন চার-পাঁচ বছর হবে, তখন সীতারাম, মহাদেব প্রভৃতি দেবদেবীর ছোট ছোট মাটির মূর্তি বাজার থেকে কিনে এনে ফুলের গয়নায় সাজিয়ে সেগুলির সামনে ধ্যানের ভান করে চোখ বুজে নিস্পন্দভাবে বসে থাকতেন এবং মধ্যে মধ্যে তাকিয়ে দেখতেন, ইতিমধ্যে তাঁর মাথায় লম্বা জটা ঝুলে পড়ে গাছের শিকড়ের মতো মাটির ভিতরে ঢুকল কি না—কারণ বাড়ির বৃদ্ধাদের কাছে তিনি শুনেছিলেন, ধ্যান করতে করতে মুনিঋষিদের মাথায় জটা হয় এবং সেই জটা ওইভাবে মাটির ভিতর নেমে যায়। তাঁর পূজনীয়া মাতা বলতেন, সেই সময়ে একদিন নরেন্দ্রনাথ হরি নামে এক প্রতিবেশী বালকের সঙ্গে সকলের অজান্তে বাড়ির এক নিভৃত অংশে ঢুকে এতক্ষণ ওইভাবে ধ্যানের ভান করে বসে ছিলেন যে, সকলে নরেন্দ্রের খোঁজে চারদিকে ছোটাছুটি করেছিল এবং ভেবেছিল, পথ হারিয়ে বালক কোথায় ঘুরে বেড়াচ্ছে। পরে বাড়ির সেই অংশে খিল দেওয়া দেখে একজন দরজা ভেঙে ঢুকে দেখল—বালক তখন নিস্পন্দভাবে বসে রয়েছে। বাল্য-কল্পনা হলেও এ থেকে বোঝা যায়, শ্রীযুত নরেন্দ্র কেমন অদ্ভুত সংস্কার নিয়ে সংসারে জন্মগ্রহণ করেছিলেন। সে যা হোক, আমরা যে সময়ের কথা বলছি, সেই সময়ে তাঁর আত্মীয়স্বজনের প্রায় কেউই জানতেন না যে, তিনি রোজ ধ্যানাভ্যাস করেন। কারণ রাতে সকলে শুয়ে পড়ার পরে ঘরে খিল দিয়ে তিনি ধ্যান করতে বসতেন এবং কখনও কখনও তাতে এত নিমগ্ন হতেন যে, সমস্ত রাত কেটে যাওয়ার পরে তাঁর সে খেয়াল হত।
মহর্ষি দেবেন্দ্রনাথের উপদেশে সেই অনুরাগবৃদ্ধি
এই সময়ের কিছু আগের একটি ঘটনায় শ্রীযুত নরেন্দ্রের ধ্যান করার প্রবৃত্তি বিশেষ উৎসাহ পেয়েছিল। বন্ধুদের নিয়ে তিনি একদিন আদি ব্রাহ্মসমাজের পূজ্যপাদ আচার্য মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মহর্ষি যুবকদের সেদিন সাদরে কাছে বসিয়ে অনেক সদুপদেশ দিয়ে প্রতিদিন ঈশ্বরের ধ্যানাভ্যাস করতে অনুরোধ করেছিলেন। নরেন্দ্রনাথকে উদ্দেশ করে তিনি সেদিন বলেছিলেন, তোমার মধ্যে যোগীর লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে, তুমি ধ্যানাভ্যাস করলে যোগশাস্ত্রনির্দিষ্ট ফলগুলি শীঘ্রই প্রত্যক্ষ করবে। মহর্ষির পুণ্য চরিত্রের জন্য নরেন্দ্রনাথ আগে থেকেই তাঁকে শ্রদ্ধা করতেন, সুতরাং তাঁর এমন কথায় তিনি যে এই সময় থেকে ধ্যানাভ্যাসে আরও মনোনিবেশ করেছিলেন, তাতে সন্দেহ নেই।
নরেন্দ্রের বহুমুখী প্রতিভা
বাল্যকাল থেকেই নানা বিষয়ে নরেন্দ্রনাথের বহুমুখী প্রতিভার পরিচয় পাওয়া যেত। বয়স পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে তিনি মুগ্ধবোধ ব্যাকরণের সমগ্র সূত্র আবৃত্তি করতে পারতেন। এক বৃদ্ধ আত্মীয় প্রতিদিন সন্ধ্যায় তাঁকে কোলে বসিয়ে পিতৃপুরুষদের নামাবলি, দেবদেবীর স্তোত্র এবং সেই ব্যাকরণের সূত্রগুলি শেখাতেন। ছয় বছর বয়সে তিনি রামায়ণের সমগ্র পালা কণ্ঠস্থ করতে পেরেছিলেন এবং পাড়ার কোথাও রামায়ণ-গান হচ্ছে শুনলেই সেখানে হাজির হতেন। শোনা যায়, তাঁর বাড়ির কাছে এক জায়গায় এক রামায়ণ-গায়ক একদিন একটি পালা গাইতে গাইতে তার কোনো এক অংশ মনে করতে পারছিলেন না, নরেন্দ্র তৎক্ষণাৎ তাঁকে সেটুকু বলে দিয়ে তাঁর কাছে বিশেষ সমাদর ও কিছু মিষ্টান্ন পেয়েছিলেন। রামায়ণ শুনতে গিয়ে নরেন্দ্রনাথ তখন মধ্যে মধ্যে চারদিকে তাকিয়ে দেখতেন, শ্রীরামচন্দ্রের দাস মহাবীর হনুমান তাঁর প্রতিশ্রুতিমতো গান শুনতে সেখানে উপস্থিত হয়েছেন কি না! নরেন্দ্রনাথের মধ্যে শ্রুতিধরের মতো প্রবল স্মৃতিশক্তির বিকাশ দেখা যেত। কোনো বিষয় একবার শুনলেই তা তাঁর আয়ত্ত হয়ে যেত। আবার এভাবে একবার কোনো বিষয় আয়ত্ত হলে তাঁর স্মৃতি থেকে তা কখনও মুছে যেত না। সেজন্য শৈশব থেকেই তাঁর পড়াশোনার রীতি সাধারণ বালকের মতো ছিল না। বাল্যে বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে রোজকার পড়া তৈরি করিয়ে দিতে তাঁর জন্য একজন শিক্ষক রাখা হয়েছিল। নরেন্দ্রনাথ বলতেন, “তিনি বাড়িতে এলে আমি ইংরেজি, বাংলা পাঠ্যবইগুলি তাঁর কাছে এনে কোন বইয়ের কোথা থেকে কতদূর পর্যন্ত সেদিন আয়ত্ত করতে হবে, তা তাঁকে দেখিয়ে দিয়ে খুশিমতো শুয়ে বা বসে থাকতাম। মাস্টার মহাশয় যেন নিজে পড়া তৈরি করছেন, এমনভাবে বইগুলির ওই সব জায়গার বানান, উচ্চারণ, অর্থ প্রভৃতি দুই-তিনবার আবৃত্তি করে চলে যেতেন। তাতেই সেসব আমার আয়ত্ত হয়ে যেত।” বড় হয়ে তিনি পরীক্ষার দুই-তিন মাস মাত্র বাকি থাকতে নির্দিষ্ট পাঠ্যবইগুলি আয়ত্ত করতে আরম্ভ করতেন; অন্য সময়ে নিজের অভিরুচিমতো অন্য বই পড়ে দিন কাটাতেন। এভাবে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার আগে তিনি ইংরেজি ও বাংলার সমগ্র সাহিত্য এবং অনেক ঐতিহাসিক গ্রন্থ পড়েছিলেন। এমন করার ফলে কিন্তু পরীক্ষার ঠিক আগে তাঁকে কখনও কখনও অত্যধিক পরিশ্রম করতে হত। আমাদের মনে আছে, একদিন তিনি এই কথাপ্রসঙ্গে আমাদের বলেছিলেন, “প্রবেশিকা পরীক্ষা আরম্ভ হওয়ার দুই-তিন দিন মাত্র বাকি থাকতে দেখি, জ্যামিতি কিছুমাত্র আয়ত্ত হয়নি; তখন সমস্ত রাত জেগে সেটা পড়তে লাগলাম এবং চব্বিশ ঘণ্টায় তার চারখানা বই আয়ত্ত করে পরীক্ষা দিয়ে এলাম!” ঈশ্বরেচ্ছায় তিনি দৃঢ় শরীর ও অপূর্ব মেধা পেয়েছিলেন বলেই তা করতে পেরেছিলেন, এ কথা বলা বাহুল্য।
নরেন্দ্রের পড়ার ঝোঁক
অন্য সব বই পড়ে নরেন্দ্রনাথ কাল কাটাতেন শুনে কেউ যেন মনে না করেন, তিনি নভেল-নাটকাদি পড়েই সময় নষ্ট করতেন। এক এক সময়ে এক এক বিষয়ের বই পড়ায় তাঁর একটা প্রবল আগ্রহ জেগে উঠত। তখন সেই বিষয়ের যত গ্রন্থ সংগ্রহ করতে পারতেন, সবই আয়ত্ত করে নিতেন। যেমন ১৮৭৯ খ্রিস্টাব্দে, প্রবেশিকা পরীক্ষা দেওয়ার বছরের শুরু থেকে ভারতবর্ষের ইতিহাসগুলি পড়ার বিশেষ আগ্রহ তাঁর মনে জেগেছিল এবং মার্শম্যান, এলফিনস্টোন-প্রমুখ ঐতিহাসিকদের গ্রন্থগুলি পড়ে ফেলেছিলেন—এফ.এ. পড়ার সময় ন্যায়শাস্ত্রের যত রকমের ইংরেজি গ্রন্থ ছিল, যথা—হোয়েটলি, জেভন্স, মিল প্রমুখ গ্রন্থকারদের বই, সবই একে একে আয়ত্ত করে নিয়েছিলেন। বি.এ. পড়ার সময় ইংল্যাণ্ডের ও ইউরোপের সব দেশের প্রাচীন ও আধুনিক ইতিহাস এবং ইংরেজি দর্শনশাস্ত্রগুলি আয়ত্ত করার একান্ত বাসনা তাঁর হয়েছিল—সর্বত্র এরকমই বুঝতে হবে।
দ্রুত পাঠ করার শক্তি
এভাবে বহু গ্রন্থপাঠের ফলে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার সময় থেকে শ্রীযুত নরেন্দ্রনাথের দ্রুত পাঠের শক্তি বিশেষ বিকশিত হয়েছিল। তিনি বলতেন, “তখন থেকে কোনো বই পড়তে বসলে গ্রন্থকারের বক্তব্য বুঝতে তার প্রতিটি ছত্র পর পর পড়া আমার আবশ্যক হত না। প্রতি প্যারার প্রথম ও শেষ ছত্র পড়লেই তার ভিতর কী বলা হয়েছে, তা বুঝতে পারতাম। ক্রমে এই শক্তি পরিণত হওয়ায় প্রতিটি প্যারাও আর পড়া আবশ্যক হত না। প্রতি পৃষ্ঠার প্রথম ও শেষ চরণ পড়েই বুঝে ফেলতাম। আবার বইয়ের যেখানে গ্রন্থকার কোনো বিষয় তর্ক-যুক্তির সাহায্যে বোঝাচ্ছেন, সেখানে প্রমাণ-প্রয়োগ দিয়ে কোনো একটি যুক্তি বোঝাতে যদি চার-পাঁচ বা ততোধিক পৃষ্ঠা লেগে থাকে, তাহলে সেই যুক্তির শুরুটুকু মাত্র পড়েই ওই পৃষ্ঠাগুলি বুঝতে পারতাম।”
নরেন্দ্রের তর্কশক্তি
বহু পাঠ ও গভীর চিন্তার ফলে শ্রীযুত নরেন্দ্র এই সময়ে বিষম তর্কপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু তিনি মিথ্যা তর্ক কখনও করতেন না, মনে-জ্ঞানে যা সত্য বলে বুঝতেন, তর্ক দিয়ে সর্বত্র তারই সমর্থন করতেন। তবে তিনি যা সত্য বলে বুঝতেন, তার বিপরীত কোনো ভাব বা মত কেউ তাঁর সমক্ষে প্রকাশ করলে তিনি চুপ করে তা কখনও শুনে যেতে পারতেন না। কঠোর যুক্তি ও প্রমাণ-প্রয়োগ দিয়ে বিরুদ্ধ পক্ষের মত খণ্ডন করে বাদীকে নিরস্ত করতেন। তাঁর যুক্তিগুলির কাছে মাথা নত করত না, এমন লোক বিরলই ছিল! আবার তর্কে পরাজিত হয়ে অনেকে যে তাঁকে সুনজরে দেখত না, এ কথা বলা বাহুল্য। তর্কের সময় বাদীর দু-চারটি কথা শুনেই তিনি বুঝতে পারতেন, সে কীরকম যুক্তি দিয়ে নিজের পক্ষ সমর্থন করবে, এবং তার উত্তর তাঁর মনে আগে থেকেই জোগানো থাকত। তর্কের সময় বাদীকে নিরস্ত করতে এমন তীক্ষ্ণ যুক্তিপ্রয়োগ তাঁর মনে কীভাবে আসে, কেউ একদিন তাঁকে এ কথা জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, “পৃথিবীতে কয়টা নতুন চিন্তাই বা আছে! সেই কয়টা জানা থাকলে এবং সেগুলির সপক্ষে ও বিপক্ষে যে কয়টা যুক্তি এ পর্যন্ত প্রয়োগ করা হয়েছে, সেই কয়টা আয়ত্ত থাকলে বাদীকে ভেবেচিন্তে উত্তর দেওয়ার প্রয়োজন থাকে না। কারণ বাদী যে কথা যেভাবেই সমর্থন করুক না, তা সেগুলির মধ্যে পড়বেই পড়বে। জগৎকে কোনো বিষয়ে নতুন ভাব ও চিন্তা দিতে সমর্থ, এমন ব্যক্তি কদাচিৎ জন্মগ্রহণ করেন।”
সুতীক্ষ্ণ বুদ্ধি, অদৃষ্টপূর্ব মেধা ও গভীর চিন্তাশক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন বলে শ্রীযুত নরেন্দ্রনাথ সব বিষয় অল্প সময়েই আয়ত্ত করে ফেলতেন। সেজন্য ছাত্রাবস্থায় তাঁর স্বচ্ছন্দে বেড়ানোর ও বন্ধুবান্ধবের সঙ্গে আমোদ-প্রমোদ করার অবকাশের অভাব হত না। লোকে তাঁকে এভাবে অনেক সময় কাটাতে দেখে ভাবত, তাঁর লেখাপড়ায় আদৌ মন নেই। অনেক সাধারণ বালক তাঁর দেখাদেখি আমোদ-প্রমোদে সময় কাটাতে গিয়ে কখনও কখনও নিজেদের পড়াশোনার ক্ষতি করে বসত।
নরেন্দ্রের ব্যায়াম-অভ্যাসে অনুরাগ
জ্ঞানার্জনের মতো ব্যায়াম-অভ্যাসেও নরেন্দ্রনাথের বাল্যকাল থেকে অশেষ অনুরাগ ছিল। পিতা তাঁকে শৈশবে একটি ঘোড়া কিনে দিয়েছিলেন। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অশ্বচালনায় সুদক্ষ হয়ে উঠেছিলেন। তা ছাড়া জিম্ন্যাস্টিক, কুস্তি, মুগুর ভাঁজা, লাঠিখেলা, অসিচালনা, সাঁতার প্রভৃতি যে-সব বিদ্যা শারীরিক বল ও শক্তিপ্রয়োগের কৌশলের উৎকর্ষ ঘটায়, প্রায় সেই সবগুলিতেই তিনি অল্পবিস্তর পারদর্শী হয়েছিলেন। শ্রীযুত নবগোপাল মিত্র-প্রতিষ্ঠিত হিন্দুমেলায় সে সময়ে এই সব বিদ্যায় প্রতিদ্বন্দ্বীদের পারদর্শিতার পরীক্ষা নিয়ে পারিতোষিক দেওয়া হত। আমরা শুনেছি, নরেন্দ্রনাথ কখনও কখনও সেই পরীক্ষা দিতেও এগিয়ে গিয়েছিলেন।
বয়স্যপ্রীতি ও সাহস
বাল্যকাল থেকে নরেন্দ্রনাথের জীবনে বয়স্যপ্রীতি ও অসীম সাহসের পরিচয় পাওয়া যেত। ছাত্রজীবনে এবং পরে তাঁকে দলপতির ও নেতৃত্বের আসনে বসাতে এই দুটি গুণ বিশেষ সহায়তা করেছিল। সাত-আট বছর বয়সে একদিন তিনি বন্ধুদের সঙ্গে মিলে কলিকাতার দক্ষিণে মেটেবুরুজ নামে একটি জায়গায় লক্ষ্নৌ প্রদেশের ভূতপূর্ব নবাব ওয়াজিদ্ আলি সাহেবের পশুশালা দেখতে গিয়েছিলেন। বালকেরা নিজেদের মধ্যে চাঁদা তুলে চাঁদপাল ঘাট থেকে একখানি টাপুরে ডিঙি যাতায়াতের জন্য ভাড়া করেছিল। ফেরার সময় তাদের একজন অসুস্থ হয়ে নৌকার মধ্যে বমি করে ফেলল। মুসলমান মাঝি এতে বিশেষ অসন্তুষ্ট হয়ে চাঁদপাল ঘাটে নৌকা লাগানোর পরে তাদের বলল, নৌকা পরিষ্কার করে না দিলে তাদের কাউকে নামতে দেবে না। বালকেরা তাকে অন্য কাউকে দিয়ে নৌকাটা পরিষ্কার করিয়ে নিতে বলে তার জন্য পারিশ্রমিক দিতে চাইলেও সে তাতে রাজি হল না। তখন বচসা বেধে ক্রমে দুই পক্ষে হাতাহাতি হওয়ার উপক্রম হলে, ঘাটে যত নৌকার মাঝি ছিল, সবাই মিলে বালকদের মারতে উদ্যত হল। বালকেরা এতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। নরেন্দ্রনাথ তাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিলেন। মাঝিদের সঙ্গে বচসার গোলমালে তিনি পাশ কাটিয়ে নৌকা থেকে নেমে পড়লেন। নিতান্ত বালক দেখে মাঝিরা তাঁর সেই কাজে বাধা দিল না। তীরে দাঁড়িয়ে ব্যাপার ক্রমে গুরুতর হচ্ছে দেখে তিনি এবার বন্ধুদের বাঁচানোর উপায় ভাবতে ভাবতে দেখতে পেলেন, দুজন ইংরেজ সৈনিক ময়দানে হাওয়া খেতে অনতিদূরে রাস্তা দিয়ে যাচ্ছেন। নরেন্দ্রনাথ দ্রুত পায়ে তাঁদের কাছে গিয়ে অভিবাদন করে তাঁদের হাত ধরলেন এবং ইংরেজি ভাষায় নিতান্ত অনভিজ্ঞ হলেও, দু-চারটি কথায় ও ইঙ্গিতে ব্যাপারটা তাঁদের যথাসম্ভব বোঝাতে বোঝাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার জন্য টানতে লাগলেন। প্রিয়দর্শন অল্পবয়স্ক বালকের এমন কাজে সদাশয় সৈনিক দুজনের হৃদয় মুগ্ধ হল। তাঁরা অবিলম্বে নৌকার পাশে পৌঁছে সমস্ত কথা বুঝতে পারলেন এবং হাতের বেত তুলে বালকদের ছেড়ে দেওয়ার জন্য মাঝিকে আদেশ করলেন। পল্টনের গোরা দেখে মাঝিরা ভয়ে যে যার নৌকায় সরে পড়ল এবং নরেন্দ্রনাথের বন্ধুরাও অব্যাহতি পেল। নরেন্দ্রনাথের ব্যবহারে সৈনিক দুজন সেদিন তাঁর উপর খুশি হলেন এবং তাঁদের সঙ্গে থিয়েটার দেখতে যাওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানালেন। নরেন্দ্রনাথ তাতে সম্মত না হয়ে কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে ধন্যবাদ দিয়ে তাঁদের কাছ থেকে বিদায় নিলেন।
কৌশলে ‘সিরাপিস্’ নামের রণতরী-দর্শনের অনুমতিলাভ
বাল্যজীবনের অন্যান্য ঘটনাও নরেন্দ্রনাথের অশেষ সাহসের পরিচয় দেয়। তেমন দু-একটির কথা এখানে বলা প্রসঙ্গবিরুদ্ধ হবে না। ভূতপূর্ব ভারত-সম্রাট সপ্তম এডওয়ার্ড যে বছর ‘প্রিন্স অব ওয়েল্স’ হিসেবে ভারত-পরিভ্রমণে আসেন, সেই বছর নরেন্দ্রনাথের বয়স দশ-বারো বছর ছিল। ব্রিটিশরাজের ‘সিরাপিস’ নামে একখানি বৃহৎ রণতরী সেই সময়ে কলিকাতায় এসেছিল এবং আদেশপত্র নিয়ে কলিকাতার বহু লোক জাহাজটির ভিতরটা দেখতে গিয়েছিল। বালক নরেন্দ্রনাথ বন্ধুদের সঙ্গে সেটি দেখার অভিলাষে আদেশপত্র পাওয়ার আশায় একখানি আবেদন লিখে চৌরঙ্গীর আফিস-বাড়িতে গিয়ে দেখলেন, দারোয়ান বিশেষ বিশেষ গণ্যমান্য ব্যক্তি ছাড়া অন্য কোনো আবেদনকারীকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তখন তিনি অনতিদূরে দাঁড়িয়ে সাহেবের সঙ্গে দেখা করার উপায় ভাবতে ভাবতে, যাঁরা ভিতরে গিয়ে আদেশপত্র নিয়ে ফিরছিলেন, তাঁদের লক্ষ করতে লাগলেন। দেখলেন, তাঁরা সকলেই সেই আফিসের তিনতলার একটি বারান্দায় যাচ্ছেন। নরেন্দ্রনাথ বুঝলেন, সেখানেই সাহেব আবেদন নিয়ে আদেশ দিচ্ছেন। তখন সেখানে যাওয়ার অন্য কোনো পথ আছে কি না খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন, ওই বারান্দার পিছনের ঘরে সাহেবের পরিচারকদের যাওয়ার জন্য বাড়ির অন্য দিকে এক পাশে একটি সরু লোহার সিঁড়ি রয়েছে। কেউ দেখতে পেলে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা বুঝেও তিনি সাহসে ভর করে সেই সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে গেলেন এবং সাহেবের ঘরের ভিতর দিয়ে বারান্দায় ঢুকে দেখলেন, সাহেবের চারদিকে আবেদনকারীরা ভিড় করে দাঁড়িয়ে আছেন এবং সাহেব সামনের টেবিলে মাথা হেঁট করে ক্রমাগত আদেশপত্রগুলিতে সই করে যাচ্ছেন। তিনি তখন সকলের পিছনে দাঁড়িয়ে রইলেন এবং যথাকালে আদেশপত্র পেয়ে সাহেবকে অভিবাদন করে অন্য সকলের মতো সামনের সিঁড়ি দিয়ে আফিসের বাইরে চলে এলেন।
আখড়ায় ট্রাপিজ খাটানোর সময় বিভ্রাট
সিমলা-পাড়ার বালকদের ব্যায়ামশিক্ষা দেওয়ার জন্য তখন কর্নওয়ালিশ স্ট্রীটের উপরে একটি জিম্ন্যাস্টিকের আখড়া ছিল। হিন্দুমেলা-প্রবর্তক শ্রীযুত নবগোপাল মিত্রই সেটি প্রতিষ্ঠা করেছিলেন। বাড়ির খুব কাছে থাকায় নরেন্দ্রনাথ বন্ধুদের সঙ্গে সেখানে রোজ এসে ব্যায়াম অভ্যাস করতেন। নবগোপালবাবু পাড়ার লোক, তাঁর সঙ্গে আগে থেকে পরিচয় থাকায় তিনি নরেন্দ্রনাথদের উপরেই আখড়ার কার্যভার দিয়েছিলেন। আখড়ায় একদিন ট্রাপিজ (দোলনা) খাটানোর জন্য বালকেরা অনেক চেষ্টা করেও তার ভারী কাঠের ফ্রেম খাড়া করতে পারছিল না। বালকদের সেই কাজ দেখতে রাস্তায় লোকের ভিড় হয়েছিল; কিন্তু কেউই তাদের সাহায্য করতে এগিয়ে আসছিল না। জনতার মধ্যে একজন বলবান ইংরেজ ‘সেলার’-কে দাঁড়িয়ে থাকতে দেখে নরেন্দ্রনাথ তাকে সাহায্য করার জন্য অনুরোধ করলেন। সে-ও তাতে সানন্দে সম্মত হয়ে বালকদের সঙ্গে যোগ দিল। তখন দড়ি বেঁধে বালকেরা ট্রাপিজের মাথাটা টেনে তুলতে লাগল এবং সাহেব তার দুই পায়া গর্তের মধ্যে ধীরে ধীরে ঢোকাতে সাহায্য করতে লাগল। এভাবে কাজ বেশ এগোচ্ছে, এমন সময় দড়ি ছিঁড়ে ট্রাপিজের কাঠের শরীর আবার ভূতলশায়ী হল এবং তার একটা পায়া হঠাৎ উঠে পড়ায় সাহেবের কপালে বিষম আঘাত লেগে সে প্রায় সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেল। সাহেব অচৈতন্য, আর তার ক্ষতস্থান থেকে অনর্গল রক্ত ঝরছে দেখে সকলে তাকে মৃত ভেবে পুলিস-হাঙ্গামার ভয়ে যে যেদিকে পারল পালাল। কেবল নরেন্দ্রনাথ ও তাঁর দু-একজন বিশেষ ঘনিষ্ঠ সঙ্গীই ঘটনাস্থলে রয়ে গিয়ে বিপদ থেকে উদ্ধারের উপায় উদ্ভাবনে মন দিলেন। নরেন্দ্রনাথ নিজের কাপড় ছিঁড়ে ভিজিয়ে সাহেবের ক্ষতস্থান বেঁধে দিলেন এবং তার মুখে জল ছিটিয়ে ও বাতাস করে তার জ্ঞান ফেরাতে চেষ্টা করতে লাগলেন। তারপর সাহেবের জ্ঞান ফিরলে তাঁরা তাকে ধরাধরি করে সামনের ‘ট্রেনিং একাডেমি’ নামের স্কুলবাড়ির ভিতরে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন, এবং নবগোপালবাবুকে শীঘ্র একজন ডাক্তার নিয়ে আসার জন্য খবর পাঠালেন। ডাক্তার এলেন এবং পরীক্ষা করে বললেন, আঘাত সাংঘাতিক নয়, এক সপ্তাহের শুশ্রূষায় সাহেব সেরে উঠবে। নরেন্দ্রনাথের শুশ্রূষায় এবং ওষুধ-পথ্যের সাহায্যে সাহেব সেই সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠল। তখন পাড়ার কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছ থেকে চাঁদা তুলে সাহেবকে কিছু পাথেয় দিয়ে নরেন্দ্রনাথ তাকে বিদায় দিলেন। নরেন্দ্রনাথের বাল্যজীবনে এমন বিপদে পড়ে অবিচলিত থাকার অনেকগুলি ঘটনার কথা আমরা শুনেছি।
নরেন্দ্রের সত্যনিষ্ঠা
বাল্যকাল থেকেই শ্রীযুত নরেন্দ্র সত্যনিষ্ঠ ছিলেন। যৌবনে পদার্পণ করার পর তাঁর এই নিষ্ঠা বিশেষ বেড়ে গিয়েছিল। তিনি বলতেন, “মিথ্যা কথা হবে বলে ছেলেদের কখনও জুজুর ভয় দেখাইনি, এবং বাড়িতে কেউ ওরকম করছে দেখলে তাকে বিষম তিরস্কার করতাম। ইংরেজি পড়ার এবং ব্রাহ্মসমাজে যাতায়াতের ফলে বাচনিক সত্যনিষ্ঠা তখন এতটা বেড়ে গিয়েছিল।”
নির্দোষ আনন্দপ্রিয়তা
সুদৃঢ় শরীর, সুতীক্ষ্ণ বুদ্ধি এবং অদ্ভুত মেধা ও পবিত্রতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন বলে নরেন্দ্রনাথকে সর্বদা সদানন্দে থাকতে দেখা যেত। ব্যায়াম, সংগীত, বাদ্য ও নৃত্যশিক্ষা, বন্ধুবান্ধবের সঙ্গে নির্দোষ রঙ্গ-পরিহাস প্রভৃতি সবরকম ব্যাপারেই তিনি নিঃসংকোচে এগিয়ে যেতেন। বাইরের লোকে তাঁর এমন আনন্দের কারণ বুঝতে না পেরে অনেক সময় তাঁর চরিত্রে দোষ কল্পনা করে বসত। তেজস্বী নরেন্দ্রনাথ কিন্তু লোকের প্রশংসা বা নিন্দায় কখনও ভ্রূক্ষেপ করতেন না। লোকের অযথা নিন্দাবাদকে মিথ্যা প্রমাণ করতে তাঁর গর্বিত হৃদয় কখনও নিজের মাথা নত করত না।
দরিদ্রের প্রতি নরেন্দ্রনাথের দয়া
দরিদ্রের প্রতি দয়া করা নরেন্দ্রনাথের আজীবন স্বভাবসিদ্ধ ছিল। তাঁর শৈশবে বাড়িতে ভিক্ষুক এসে কাপড়, বাসনপত্র যা চাইত, তিনি তাকে তা-ই দিয়ে বসতেন। বাড়ির লোকেরা তা জানতে পেরে বালককে তিরস্কার করতেন এবং ভিক্ষুককে পয়সা দিয়ে সেগুলি ছাড়িয়ে নিতেন। কয়েকবার এমন হওয়ায় মা একদিন বালক নরেন্দ্রকে বাড়ির দোতলায় ঘরের ভিতরে আটকে রাখলেন। সেই সময়ে একজন ভিক্ষুক এসে উচ্চস্বরে ভিক্ষা চাওয়ায় বালক জানালা দিয়ে নিজের মায়ের কয়েকখানি ভালো কাপড় তাকে দিয়ে বসল।
নরেন্দ্রের ক্রোধ
তাঁর মা বলতেন, “ছেলেবেলা থেকে নরেন্দ্রের একটা বড় দোষ ছিল। কোনো কারণে যদি কখনও তার ক্রোধ হত, তাহলে সে যেন একেবারে আত্মহারা হয়ে যেত এবং বাড়ির আসবাবপত্র ভেঙেচুরে তছনছ করত। পুত্রকামনায় কাশীধামে ৺বীরেশ্বরের কাছে বিশেষ মানত করেছিলাম। ৺বীরেশ্বর বোধ হয় তাঁর একটা ভূতকে পাঠিয়ে দিয়েছেন! নইলে ক্রোধ হলে সে অমন ভূতের মতো অশান্ত ব্যবহার করে কেন?” তিনি বালকের এই ক্রোধের চমৎকার ওষুধ বের করেছিলেন। যখন দেখতেন, তাকে কোনোমতে শান্ত করতে পারছেন না, তখন ৺বীরেশ্বরকে স্মরণ করে দু-এক ঘড়া ঠান্ডা জল তার মাথায় ঢেলে দিতেন। বালকের ক্রোধ এতে একেবারে প্রশমিত হত! দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে মিলিত হওয়ার কিছুকাল পরে নরেন্দ্রনাথ একদিন আমাদের বলেছিলেন, “ধর্ম-কর্ম করতে এসে আর কিছু না হোক, ক্রোধটা তাঁর (ঈশ্বরের) কৃপায় আয়ত্ত করতে পেরেছি। আগে ক্রুদ্ধ হলে একেবারে আত্মহারা হয়ে যেতাম, এবং পরে তার জন্য অনুতাপে দগ্ধ হতাম। এখন কেউ নিষ্কারণে মারলে অথবা নিতান্ত অপকার করলেও তার উপর আগের মতো বিষম ক্রোধ হয় না।”
নরেন্দ্রের মস্তিষ্ক ও হৃদয়ের সমসমান উৎকর্ষ
মস্তিষ্ক ও হৃদয় উভয়ের সমসমান উৎকর্ষ সংসারে খুব কম লোকের মধ্যেই দেখা যায়। যাঁদের এমন হয়, তাঁরাই মানবসমাজে কোনো না কোনো বিষয়ে নিজ নিজ মহত্ত্ব প্রতিষ্ঠা করেন। আবার আধ্যাত্মিক জগতে যাঁরা নিজেদের অসাধারণত্ব সপ্রমাণ করে যান, মস্তিষ্ক ও হৃদয়ের সঙ্গে কল্পনাশক্তির প্রবৃদ্ধিও বাল্যকাল থেকে তাঁদের জীবনে দেখা যায়। নরেন্দ্রনাথের জীবনালোচনায় এই কথা যে সত্য, তা হৃদয়ঙ্গম হয়। এ বিষয়ের একটি দৃষ্টান্ত এখানে দিলে পাঠক বুঝতে পারবেন।
নরেন্দ্রের প্রথম ধ্যানতন্ময়তা—রায়পুর যাওয়ার পথে
নরেন্দ্রনাথের পিতা এক সময়ে বিষয়কর্ম উপলক্ষে মধ্যপ্রদেশের রায়পুর নামে একটি জায়গায় কিছুকাল ছিলেন। অনেক দিন সেখানে থাকতে হবে বুঝে তিনি কিছুকাল পরে পরিবারের সকলকে ওই জায়গায় আনিয়ে নিয়েছিলেন। তাঁদের নিয়ে যাওয়ার ভার তখন নরেন্দ্রনাথের উপরই পড়েছিল। নরেন্দ্রের বয়স তখন মাত্র চৌদ্দ-পনেরো বছর। ভারতের মধ্যপ্রদেশে তখন রেল হয়নি, সুতরাং রায়পুর যেতে হলে শ্বাপদসংকুল নিবিড় অরণ্যের মধ্য দিয়ে এক পক্ষেরও বেশি সময় গোরুর গাড়িতে করে যেতে হত। নরেন্দ্রনাথ বলতেন, এভাবে অশেষ শারীরিক কষ্টভোগ করতে হলেও বনস্থলীর অপূর্ব সৌন্দর্য দেখে সেই কষ্টকে কষ্ট বলেই তাঁর মনে হয়নি, এবং অযাচিত হয়েও যিনি ধরিত্রীকে এমন অনুপম বেশভূষায় সাজিয়ে রেখেছেন, তাঁর অসীম শক্তি ও অনন্ত প্রেমের সাক্ষাৎ পরিচয় প্রথম পেয়ে তাঁর হৃদয় মুগ্ধ হয়েছিল। তিনি বলতেন, “বনের ভিতরের পথ দিয়ে যেতে যেতে সেই সময়ে যা দেখেছি ও অনুভব করেছি, তা স্মৃতি-পত্রে চিরকালের জন্য দৃঢ়মুদ্রিত হয়ে গেছে, বিশেষত একদিনের কথা। উন্নতশীর্ষ বিন্ধ্যগিরির পাদদেশ দিয়ে সেদিন আমাদের যেতে হয়েছিল। পথের দুই পাশেই গিরিশৃঙ্গগুলি গগন স্পর্শ করে দাঁড়িয়ে; নানাজাতীয় বৃক্ষ-লতা ফল-পুষ্প-সম্ভারে অবনত হয়ে পর্বত-পৃষ্ঠে অপূর্ব শোভা ফুটিয়ে রেখেছে; মধুর কাকলিতে দিক পূর্ণ করে নানা বর্ণের বিহগকুল কুঞ্জ থেকে কুঞ্জান্তরে যাচ্ছে, অথবা আহার-অন্বেষণে কখনও কখনও ভূমিতে নেমে আসছে,—এই সব দেখতে দেখতে মনে একটা অপূর্ব শান্তি অনুভব করছিলাম। ধীর-মন্থর গতিতে চলতে চলতে গোরুর গাড়িগুলি ক্রমে ক্রমে এমন এক জায়গায় এসে পৌঁছল, যেখানে দুটি পর্বতশৃঙ্গ যেন প্রেমে এগিয়ে এসে বনপথকে একেবারে স্পর্শ করে রয়েছে। তখন শৃঙ্গ দুটির পৃষ্ঠদেশ বিশেষভাবে নিরীক্ষণ করে দেখি, এক পাশের পর্বতগাত্রে মস্তক থেকে পাদদেশ পর্যন্ত বিস্তৃত একটি সুবৃহৎ ফাটল রয়েছে, এবং সেই ফাঁকটি ভরে মৌমাছিদের যুগযুগান্তরের পরিশ্রমের নিদর্শন-স্বরূপ একখানি প্রকাণ্ড মধুচক্র ঝুলে রয়েছে! তখন বিস্ময়ে মগ্ন হয়ে সেই মৌমাছি-রাজ্যের আদি-অন্তের কথা ভাবতে ভাবতে মন ত্রিজগৎ-নিয়ন্তা ঈশ্বরের অনন্ত শক্তির উপলব্ধিতে এমনভাবে তলিয়ে গেল যে, কিছুক্ষণের জন্য বাহ্য সংজ্ঞা একেবারে লোপ পেল। কতক্ষণ ওইভাবে গাড়িতে পড়ে ছিলাম, মনে পড়ে না। যখন আবার চেতনা ফিরল, তখন দেখলাম, সেই জায়গা পেরিয়ে অনেক দূরে এসে পড়েছি। গাড়িতে একা ছিলাম বলে সে কথা কেউ জানতে পারেনি।” প্রবল কল্পনার সাহায্যে ধ্যানের রাজ্যে আরূঢ় হয়ে একেবারে তন্ময় হয়ে যাওয়া নরেন্দ্রনাথের জীবনে বোধ হয় এই প্রথম।
নরেন্দ্রের সন্ন্যাসী পিতামহ
নরেন্দ্রনাথের পিতৃপরিচয় সংক্ষেপে দিয়ে আমরা বর্তমান প্রবন্ধের উপসংহার করব। বহু শাখায় বিভক্ত সিমলার দত্তপরিবার কলিকাতার প্রাচীন বংশগুলির মধ্যে অন্যতম ছিল। ধনে, মানে এবং বিদ্যাগৌরবে এই বংশ মধ্যবিত্ত কায়স্থ-গৃহস্থদের অগ্রণী ছিল। নরেন্দ্রনাথের প্রপিতামহ শ্রীযুত রামমোহন দত্ত ওকালতি করে বেশ উপার্জনক্ষম হয়েছিলেন এবং বহুগোষ্ঠী-পরিবৃত হয়ে সিমলার গৌরমোহন মুখার্জি লেনের নিজের বাড়িতে সসম্মানে বাস করতেন। তাঁর পুত্র দুর্গাচরণ পিতার বিপুল সম্পত্তির অধিকারী হয়েও অল্প বয়সে সংসারে বীতরাগ হয়ে প্রব্রজ্যা অবলম্বন করেন। শোনা যায়, বাল্যকাল থেকেই শ্রীযুত দুর্গাচরণ সাধু-সন্ন্যাসীর ভক্ত ছিলেন। যৌবনে পদার্পণ করার পর থেকে সেই প্রবৃত্তি তাঁকে শাস্ত্র-অধ্যয়নে নিযুক্ত রেখে অল্পদিনে সুপণ্ডিত করে তুলেছিল। বিবাহ করলেও দুর্গাচরণের সংসারে আসক্তি ছিল না। নিজের বাগানে সাধুসঙ্গেই তাঁর অনেক সময় কাটত। স্বামী বিবেকানন্দ বলতেন, তাঁর পিতামহ শাস্ত্রমর্যাদা রক্ষা করে পুত্রমুখ নিরীক্ষণ করার অল্পদিন পরেই চিরদিনের মতো গৃহত্যাগ করেছিলেন। সংসার পরিত্যাগ করে চলে গেলেও বিধাতার নির্বন্ধে শ্রীযুত দুর্গাচরণ সহধর্মিণী ও আত্মীয়স্বজনের সঙ্গে দুবার অল্প সময়ের জন্য মিলিত হয়েছিলেন। তাঁর পুত্র বিশ্বনাথ যখন দুই-তিন বছরের হবে, তখন তাঁর সহধর্মিণী ও আত্মীয়স্বজন বোধ হয় তাঁরই খোঁজে ৺কাশীধামে গিয়ে কিছুকাল ছিলেন। রেলপথ না থাকায় সম্ভ্রান্তবংশীয়েরা তখন নৌকাযোগেই কাশীতে আসতেন। দুর্গাচরণের সহধর্মিণীও সেইরকমই করেছিলেন। পথে শিশু বিশ্বনাথ এক জায়গায় নৌকা থেকে জলে পড়ে গিয়েছিল। তার মা-ই তা সবার আগে দেখে তাকে বাঁচাতে ঝাঁপ দিলেন। পরে অশেষ চেষ্টায় সংজ্ঞাশূন্য মাকে জলের ভিতর থেকে নৌকায় তুলতে গিয়ে দেখা গেল, তিনি সন্তানের হাত তখনও দৃঢ়ভাবে ধরে আছেন। এভাবে মায়ের অপার স্নেহই সেবার বিশ্বনাথের প্রাণ-রক্ষার হেতু হয়েছিল।
কাশী পৌঁছোনোর পরে শ্রীযুত দুর্গাচরণের সহধর্মিণী প্রতিদিন ৺বিশ্বনাথদর্শনে যেতেন। একদিন বৃষ্টিতে পথ পিচ্ছিল হওয়ায় শ্রীমন্দিরের সামনে তিনি সহসা পড়ে গেলেন। সেই জায়গা দিয়ে যেতে যেতে একজন সন্ন্যাসী তা দেখতে পেয়ে দ্রুত পায়ে তাঁর কাছে এলেন এবং তাঁকে সযত্নে তুলে মন্দিরের সিঁড়িতে বসিয়ে, শরীরের কোনো জায়গায় গুরুতর আঘাত লেগেছে কি না পরীক্ষা করতে গেলেন। কিন্তু চার চোখের মিলন হওয়ামাত্র দুর্গাচরণ ও তাঁর সহধর্মিণী পরস্পরকে চিনতে পারলেন এবং সন্ন্যাসী দুর্গাচরণ দ্বিতীয়বার তাঁর দিকে না তাকিয়ে দ্রুত পায়ে সেখান থেকে অন্তর্হিত হলেন।
শাস্ত্রে বিধি আছে, প্রব্রজ্যাগ্রহণের বারো বছর পরে সন্ন্যাসী ব্যক্তি ‘স্বর্গাদপি গরীয়সী’ নিজ জন্মভূমি দর্শন করবেন। সেজন্য শ্রীযুত দুর্গাচরণ বারো বছর পরে একবার কলিকাতায় এসে এক পুরোনো বন্ধুর বাড়িতে উঠেছিলেন এবং তাঁকে বিশেষ করে অনুরোধ করেছিলেন—যাতে তাঁর আগমনের খবর তাঁর আত্মীয়স্বজনের মধ্যে প্রচার না হয়। সংসারী বন্ধু সন্ন্যাসী দুর্গাচরণের সেই অনুরোধ অগ্রাহ্য করে গোপনে তাঁর আত্মীয়দের কাছে সে খবর পাঠালেন এবং তাঁরা সদলবলে এসে একরকম জোর করে শ্রীযুত দুর্গাচরণকে বাড়িতে নিয়ে গেলেন। দুর্গাচরণ এভাবে বাড়িতে গেলেন বটে, কিন্তু কারও সঙ্গে কথাবার্তা না বলে মৌন অবলম্বন করে স্থাণুর মতো নিশ্চেষ্টভাবে চোখ বুজে ঘরের এক কোণে বসে রইলেন। শোনা যায়, একাদিক্রমে তিন অহোরাত্র তিনি সেইভাবে একাসনে বসে ছিলেন। তিনি অনশনে প্রাণত্যাগ করবেন ভেবে তাঁর আত্মীয়স্বজন শঙ্কিত হয়ে উঠলেন এবং ঘরের দরজা আগের মতো বন্ধ না রেখে খুলে রাখলেন। পরদিন দেখা গেল, সন্ন্যাসী দুর্গাচরণ সকলের অলক্ষ্যে গৃহত্যাগ করে কোথায় অন্তর্হিত হয়েছেন।
নরেন্দ্রের পিতা বিশ্বনাথ
শ্রীযুত দুর্গাচরণের পুত্র বিশ্বনাথ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফারসি ও ইংরেজিতে বিশেষ ব্যুৎপত্তি লাভ করে কলিকাতা হাইকোর্টের এটর্নি হয়েছিলেন। তিনি দানশীল ও বন্ধুবৎসল ছিলেন এবং বেশ উপার্জন করলেও কিছুই রেখে যেতে পারেননি। পিতৃধর্ম পুত্রে বর্তেছিল, বোধ হয় সেটিই তাঁকে সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে দেয়নি। বাস্তবিক, অনেক বিষয়েই বিশ্বনাথের স্বভাব সাধারণ গৃহস্থের মতো ছিল না। তিনি আগামীকালের ভাবনায় কখনও ব্যস্ত হতেন না, পাত্রাপাত্র বিচার না করেই সাহায্য করতে এগিয়ে যেতেন, স্নেহপরায়ণ হলেও বিদেশে দূরে থাকার সময় অনেক দিন ধরে আত্মীয়-পরিজনের কিছুমাত্র খবর না নিয়ে নিশ্চিন্ত থাকতে পারতেন—এমন অনেক কথা তাঁর সম্বন্ধে বলা যেতে পারে।
বিশ্বনাথের সংগীত-প্রিয়তা
শ্রীযুত বিশ্বনাথ বুদ্ধিমান ও মেধাবী ছিলেন। সংগীতাদি কলাবিদ্যায় তাঁর বিশেষ অনুরাগ ছিল। স্বামী বিবেকানন্দ বলতেন, তাঁর পিতা সুকণ্ঠ ছিলেন এবং রীতিমতো শিক্ষা না নিয়েও নিধুবাবুর টপ্পা প্রভৃতি সুন্দর গাইতে পারতেন। সংগীতচর্চা যে নির্দোষ আমোদ, এই ধারণা ছিল বলেই তিনি তাঁর জ্যেষ্ঠপুত্র নরেন্দ্রনাথকে বিদ্যার্জনের সঙ্গে সঙ্গে সংগীত শেখানোর ব্যবস্থা করেছিলেন। তাঁর সহধর্মিণী শ্রীমতী ভুবনেশ্বরীও বৈষ্ণব ভিক্ষুক ও রাতভিখারিদের ভজনগান একবারমাত্র শুনেই সুর-তাল-লয়ের সঙ্গে পুরোপুরি আয়ত্ত করতে পারতেন।
বিশ্বনাথের মুসলমানি আচার-ব্যবহার
খ্রিস্টান-পুরাণ বাইবেলপাঠে এবং ফারসি কবি হাফেজের বয়েৎ-আবৃত্তিতে শ্রীযুত বিশ্বনাথের বিশেষ প্রীতি ছিল। মহামহিম ঈশার পুণ্য চরিতের দু-এক অধ্যায় তাঁর নিত্যপাঠ্য ছিল, এবং সেই চরিতের ও হাফেজের প্রেমগর্ভ কবিতাগুলির কিছু কিছু তিনি স্ত্রীপুত্রদের কখনও কখনও শোনাতেন। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের লক্ষ্নৌ, লাহোর প্রভৃতি মুসলমানপ্রধান জায়গায় কিছুকাল বাস করে তিনি মুসলমানদের কিছু কিছু আচার-ব্যবহারের প্রতি অনুরাগী হয়ে উঠেছিলেন। রোজ পোলাও খাওয়ার প্রথা বোধ হয় এভাবেই তাঁর পরিবারে চালু হয়েছিল।
বিশ্বনাথের রঙ্গরস-প্রিয়তা
শ্রীযুত বিশ্বনাথ একদিকে যেমন ধীর গম্ভীর ছিলেন, আবার তেমনি রঙ্গপ্রিয় ছিলেন। ছেলেমেয়েদের মধ্যে কেউ কখনও অন্যায় আচরণ করলে তিনি তাকে কড়া কথায় শাসন না করে তার সেই আচরণের কথা তার বন্ধু-বান্ধবদের কাছে এমনভাবে প্রচার করিয়ে দিতেন যে, সে নিজেই লজ্জিত হয়ে আর কখনও তেমন কাজ করত না। দৃষ্টান্ত হিসেবে এখানে একটি ঘটনার কথা বললেই পাঠক বুঝতে পারবেন। তাঁর জ্যেষ্ঠপুত্র নরেন্দ্রনাথ একদিন কোনো এক বিষয় নিয়ে মায়ের সঙ্গে বচসা করে তাঁকে দু-একটি কটু কথা বলেছিলেন। শ্রীযুত বিশ্বনাথ তাঁকে এর জন্য কিছুমাত্র তিরস্কার না করে, যে ঘরে নরেন্দ্র তাঁর বন্ধুদের সঙ্গে ওঠা-বসা করতেন, তার দরজার উপরের দিকে এক টুকরো কয়লা দিয়ে বড় বড় অক্ষরে লিখে দিলেন—‘নরেনবাবু তাঁর মাতাকে আজ এই সব কথা বলেছেন।’ নরেন্দ্রনাথ ও তাঁর বন্ধুরা সেই ঘরে ঢুকতে গেলেই ওই কথাগুলি তাঁদের চোখে পড়ত এবং নরেন্দ্র এতে অনেক দিন ধরে নিজের অপরাধের জন্য বিষম সংকোচ বোধ করতেন।
বিশ্বনাথের দানশীলতা
শ্রীযুত বিশ্বনাথ বহু আত্মীয়কে প্রতিপালন করতেন। অন্নদানে তিনি সর্বদা মুক্তহস্ত ছিলেন। দূরসম্পর্কের কেউ কেউ তাঁর অন্নে জীবনধারণ করে আলস্যে দিন কাটাত, কেউ কেউ আবার নেশা-ভাঙ খেয়ে জীবনের অবসাদ দূর করত। নরেন্দ্রনাথ বড় হয়ে ওইসব অযোগ্য লোককে দান করার জন্য পিতাকে অনেক সময় অনুযোগ করতেন। শ্রীযুত বিশ্বনাথ তাকে বলতেন, “মানুষের জীবন যে কত দুঃখময়, তা তুই এখন কী বুঝবি? যখন বুঝতে পারবি, তখন ওই দুঃখের হাত থেকে ক্ষণিক মুক্তির জন্য যারা নেশা-ভাঙ করে, তাদের পর্যন্ত দয়ার চোখে দেখতে পারবি!”
বিশ্বনাথের মৃত্যু
বিশ্বনাথের অনেকগুলি পুত্র-কন্যা হয়েছিল। তারা সকলেই অশেষ সদ্গুণসম্পন্ন ছিল। কন্যাদের অনেকেই কিন্তু দীর্ঘজীবী হয়নি। তিন-চারটি কন্যার পরে নরেন্দ্রনাথের জন্ম হওয়ায় তিনি পিতামাতার বিশেষ প্রিয় হয়েছিলেন। ১৮৮৩ খ্রিস্টাব্দের শীতকালে নরেন্দ্রনাথ যখন বি.এ. পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন তাঁর পিতা সহসা হৃদ্রোগে প্রাণত্যাগ করলেন।[2] তাঁর মৃত্যুতে তাঁর স্ত্রীপুত্রেরা একেবারে নিঃস্ব অবস্থায় পড়েছিল।
নরেন্দ্রের মাতা
নরেন্দ্রনাথের মাতা শ্রীমতী ভুবনেশ্বরীর মহত্ত্ব সম্বন্ধে অনেক কথা শোনা যায়। তিনি যে কেবল সুরূপা এবং দেবভক্তিপরায়ণা ছিলেন তা নয়, বিশেষ বুদ্ধিমতী এবং কার্যকুশলাও ছিলেন। তাঁর স্বামীর সুবৃহৎ সংসারের সমস্ত কাজের ভার তাঁর উপরেই ন্যস্ত ছিল। শোনা যায়, তিনি অবলীলাক্রমে তার সুচারু বন্দোবস্ত করে বুনন প্রভৃতি শিল্পকাজের জন্য সময় করে নিতেন। রামায়ণ-মহাভারতাদি ধর্মগ্রন্থপাঠ ছাড়া তাঁর বিদ্যাশিক্ষা বেশি দূর না এগোলেও স্বামী ও পুত্রাদির কাছ থেকে তিনি অনেক বিষয় মুখে মুখে এমনভাবে শিখে নিয়েছিলেন যে, তাঁর সঙ্গে কথা বললে তাঁকে শিক্ষিতা বলে মনে হত। তাঁর স্মৃতি ও ধারণাশক্তি বিশেষ প্রবল ছিল। একবারমাত্র শুনেই তিনি কোনো বিষয় আবৃত্তি করতে পারতেন এবং বহু আগের কথা ও বিষয়গুলি গতকালের ঘটনার মতো তাঁর মনে থাকত। স্বামীর মৃত্যুর পরে তিনি দারিদ্র্যে পড়লে তাঁর ধৈর্য, সহিষ্ণুতা ও তেজস্বিতা প্রভৃতি গুণরাজি বিশেষ বিকশিত হয়ে উঠেছিল। যিনি প্রতি মাসে হাজার টাকা ব্যয় করে সংসার চালাতেন, সেই তাঁকে তখন মাসিক ত্রিশ টাকায় নিজের ও পুত্রদের ভরণপোষণ করতে হত। কিন্তু তাতেও তাঁকে একদিনের জন্যও বিষণ্ণ দেখা যেত না। সেই অল্প আয়েই তিনি তাঁর ছোট সংসারের সব বন্দোবস্ত এমনভাবে করতেন যে, লোকে দেখে তাঁর মাসিক ব্যয় অনেক বেশি বলে মনে করত। বাস্তবিক, স্বামীর আকস্মিক মৃত্যুতে শ্রীমতী ভুবনেশ্বরী তখন কী ভীষণ অবস্থায় পড়েছিলেন, তা ভাবলে হৃদয় অবসন্ন হয়। সংসারনির্বাহের কোনো নিশ্চিত আয় নেই—অথচ তাঁর সুখপালিতা বৃদ্ধা মাতা ও পুত্রদের ভরণপোষণ এবং বিদ্যাশিক্ষার বন্দোবস্ত কোনোমতে নির্বাহ করতে হবে—তাঁর স্বামীর দৌলতে যে-সব আত্মীয় বেশ দু-পয়সা উপার্জন করছিলেন, তাঁরা সাহায্য করা দূরে থাকুক, সুযোগ পেয়ে ন্যায্য অধিকারগুলিও লোপ করতে কৃতসংকল্প—তাঁর অশেষসদ্গুণসম্পন্ন জ্যেষ্ঠপুত্র নরেন্দ্রনাথ নানাভাবে চেষ্টা করেও অর্থকর কোনো কাজকর্মের সন্ধান পাচ্ছেন না এবং সংসারের উপর বীতরাগ হয়ে চিরকালের মতো তা ত্যাগের দিকে এগোচ্ছেন—এমন ভীষণ অবস্থায় পড়েও শ্রীমতী ভুবনেশ্বরী যেভাবে ধীর-স্থির থেকে নিজের কর্তব্য পালন করেছিলেন, তা ভেবে তাঁর উপর স্বভাবতই ভক্তি-শ্রদ্ধা জাগে। ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের ঘনিষ্ঠ সম্বন্ধের আলোচনায় পরে পাঠকের সামনে তাঁর এই সময়ের পারিবারিক অভাব প্রভৃতির কথা আমাদের উত্থাপন করতে হবে। সেজন্য এখানে সে বিষয় বিবৃত করতে আর বেশি দূর না এগিয়ে, আমরা তাঁর দক্ষিণেশ্বরে দ্বিতীয়বার আগমনের কথা এখন পাঠককে বলতে শুরু করি।
[1] মন চল নিজ নিকেতনে।
সংসার-বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে।
বিষয়পঞ্চক আর ভূতগণ,
সব তোর পর, কেহ নয় আপন,
পরপ্রেমে কেন হয়ে অচেতন
ভুলিছ আপন জনে।
সত্যপথে মন কর আরোহণ,
প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ,
সঙ্গেতে সম্বল লহ ভক্তিধন
গোপনে অতি যতনে।
লোভ মোহ আদি পথে দস্যুগণ,
পথিকের করে সর্বস্ব মোষণ,
তাই বলি মন রেখরে প্রহরী
শম দম দুইজনে।
সাধুসঙ্গ নামে আছে পান্থধাম,
শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম,
পথভ্রান্ত হলে শুধাইও পথ
সে পান্থনিবাসিগণে।
যদি দেখ পথে ভয়েরি আকার,
প্রাণপণে দিও দোহাই রাজার,
সে পথে রাজার প্রবল প্রতাপ
শমন ডরে যাঁর শাসনে।
[2] পিতার মৃত্যু বি.এ. পরীক্ষার পরে হয়। অষ্টম অধ্যায়ের ৭ম প্যারা দ্রঃ।
যথার্থ ঈশ্বর-প্রেমিক বলে ধারণা করেও দ্বিতীয়বার ঠাকুরের কাছে আসতে নরেন্দ্রের বিলম্ব করার কারণ
যথার্থ পুরুষকারসম্পন্ন ও স্থিরলক্ষ্য পুরুষেরা অপরের মহত্ত্বের পরিচয় পেলে মুক্তকণ্ঠে তা স্বীকার করে প্রাণে অপূর্ব উল্লাস অনুভব করেন। আবার সেই মহত্ত্ব যদি কখনও কারও মধ্যে অদৃষ্টপূর্ব অভাবনীয় রূপে প্রকাশ পেতে দেখেন, তবে সেই চিন্তায় মগ্ন হয়ে তাঁদের মন কিছুকালের জন্য মুগ্ধ ও স্তম্ভিত হয়ে পড়ে। এমন হলেও কিন্তু এই ঘটনা তাঁদের কখনও নিজ গন্তব্যপথ থেকে বিচলিত করে না, সেই পুরুষের অনুকরণেও প্রবৃত্ত করে না। অথবা বহুকালের সঙ্গ, সাহচর্য ও প্রেমবন্ধন ছাড়া তাঁদের জীবনের কার্যকলাপ সেই পুরুষের বর্ণে সহজে রঞ্জিত হয়ে ওঠে না। দক্ষিণেশ্বরে ঠাকুরের প্রথম দর্শনলাভ করে নরেন্দ্রনাথের ঠিক এমন অবস্থা হয়েছিল। ঠাকুরের অপূর্ব ত্যাগ এবং মন ও মুখের একান্ত ঐক্য দেখে মুগ্ধ ও আকৃষ্ট হলেও নরেন্দ্রের হৃদয় জীবনের আদর্শরূপে তাঁকে গ্রহণ করতে সহজে সম্মত হয়নি। সুতরাং বাড়িতে ফেরার পরে কয়েক দিন ধরে ঠাকুরের অদৃষ্টপূর্ব চরিত্র ও আচরণ তাঁর মনে বারবার ভেসে উঠলেও, নিজের প্রতিশ্রুতি পূর্ণ করতে আবার তাঁর কাছে যাওয়ার কথা তিনি দূর ভবিষ্যতের গর্ভে ঠেলে রেখে আপন কর্তব্যে মনোনিবেশ করেছিলেন। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ঠাকুরকে অর্ধোন্মাদ বলে ধারণা করাই যে এ ব্যাপারে তাঁকে অনেকটা সাহায্য করেছিল, এ কথা বোঝা যায়। আবার, ধ্যানাভ্যাস এবং কলেজের পড়াশোনা ছাড়া নরেন্দ্র তখন প্রতিদিন সংগীত ও ব্যায়াম-চর্চা করতেন—তার উপর বন্ধুবান্ধবদের মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য তাঁদের নিয়ে ব্রাহ্মসমাজের অনুসরণে কলিকাতার নানা জায়গায় প্রার্থনা ও আলোচনা-সমিতি গড়ে তুলছিলেন। সুতরাং সহস্র কাজে রত নরেন্দ্রনাথের মনে দক্ষিণেশ্বরে যাওয়ার কথা কয়েক পক্ষ চাপা পড়ে থাকবে, এতে বিচিত্র কী? কিন্তু পাশ্চাত্য শিক্ষা ও দৈনন্দিন কাজ তাঁকে এভাবে ভুলিয়ে রাখলেও তাঁর স্মৃতি ও সত্যনিষ্ঠা অবসর পেলেই তাঁকে একা দক্ষিণেশ্বরে গিয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে তাগিদ দিচ্ছিল। সেজন্যই প্রথম দর্শনের প্রায় এক মাস পরে আমরা শ্রীযুত নরেন্দ্রকে একদিন একা হেঁটে আবার দক্ষিণেশ্বরের দিকে যেতে দেখি। সেদিনের কথা তিনি পরে এক সময়ে আমাদের যেভাবে বলেছিলেন, আমরা সেইভাবেই তা এখানে পাঠককে বলছি –
নরেন্দ্রের দ্বিতীয়বার আগমন ও ঠাকুরের প্রভাবে সহসা অদ্ভুত প্রত্যক্ষানুভূতি
“দক্ষিণেশ্বর কালীবাড়ি যে কলিকাতা থেকে এত দূরে, তা আগে গাড়ি করে একবারমাত্র গিয়ে বুঝতে পারিনি। বরাহনগরে দাশরথি সান্যাল, সাতকড়ি লাহিড়ী প্রভৃতি বন্ধুদের কাছে আগে থেকেই যাতায়াত ছিল। ভেবেছিলাম রাসমণির বাগান তাদের বাড়ির কাছেই হবে, কিন্তু যত যাই পথ যেন আর ফুরোতে চায় না! যা হোক, জিজ্ঞাসা করতে করতে কোনোমতে দক্ষিণেশ্বরে পৌঁছলাম এবং একেবারে ঠাকুরের ঘরে গিয়ে হাজির হলাম। দেখলাম, তিনি আগের মতো তাঁর বিছানার পাশের ছোট তক্তপোশখানির উপর একা আপন মনে বসে আছেন—কাছে কেউই নেই। আমাকে দেখামাত্র আহ্লাদে কাছে ডেকে তারই এক প্রান্তে বসালেন। বসার পরেই কিন্তু দেখতে পেলাম, তিনি যেন কেমন একপ্রকার ভাবে আবিষ্ট হয়ে পড়েছেন এবং অস্পষ্ট স্বরে আপনা-আপনি কী বলতে বলতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ করে ধীরে ধীরে আমার দিকে সরে আসছেন। ভাবলাম, পাগল বুঝি আগের দিনের মতো আবার কোনো পাগলামি করবে। এ কথা ভাবতে না ভাবতে তিনি সহসা কাছে এসে নিজের ডান পা আমার গায়ে রাখলেন এবং সেই স্পর্শে মুহূর্তের মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি হল। চোখ মেলে দেখতে লাগলাম, দেওয়ালগুলির সঙ্গে ঘরের সমস্ত বস্তু বেগে ঘুরতে ঘুরতে কোথায় লীন হয়ে যাচ্ছে এবং সমগ্র বিশ্বের সঙ্গে আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হতে ছুটে চলেছে! তখন দারুণ আতঙ্কে অভিভূত হয়ে পড়লাম, মনে হল—আমিত্বের নাশেই মরণ, সেই মরণ সামনে—অতি নিকটে! সামলাতে না পেরে চিৎকার করে বলে উঠলাম, ‘ওগো, তুমি আমায় একি করলে, আমার যে বাপ-মা আছেন!’ অদ্ভুত পাগল আমার এই কথা শুনে খলখল করে হেসে উঠলেন, এবং হাত দিয়ে আমার বুক স্পর্শ করতে করতে বলতে লাগলেন, ‘তবে এখন থাক, একেবারে কাজ নেই, কালে হবে!’ আশ্চর্যের বিষয়, তিনি এভাবে স্পর্শ করে ওই কথা বলামাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ একেবারে মিলিয়ে গেল; প্রকৃতিস্থ হলাম, এবং দেখতে পেলাম, ঘরের ভিতরের ও বাইরের পদার্থগুলি আগের মতোই রয়েছে।”
এমন প্রত্যক্ষের কারণান্বেষণে ও ভবিষ্যতে আবার ওইভাবে অভিভূত না হয়ে পড়ার জন্য নরেন্দ্রের চেষ্টা
“বলতে এতক্ষণ লাগলেও ঘটনাটি অতি অল্প সময়ের মধ্যে হয়ে গেল এবং তাতে মনে এক যুগান্তর ঘটল। স্তব্ধ হয়ে ভাবতে লাগলাম, এটা কী হল? দেখলাম তো, সেটা এই অদ্ভুত পুরুষের প্রভাবে সহসা এসে সহসা লয় হয়ে গেল। বইয়ে Mesmerism (মোহিনী ইচ্ছাশক্তিসঞ্চারণ) ও Hypnotism (সম্মোহনবিদ্যা) সম্বন্ধে পড়েছিলাম। ভাবতে লাগলাম, এটা কি সেরকম কিছু একটা? কিন্তু এমন সিদ্ধান্তে প্রাণ সায় দিল না। কারণ, দুর্বল মনের উপরেই প্রভাব বিস্তার করে প্রবল ইচ্ছাশক্তিসম্পন্ন লোকেরা এসব অবস্থা আনেন; কিন্তু আমি তো তেমন নই, বরং এতকাল ধরে বিশেষ বুদ্ধিমান ও মানসিক বলসম্পন্ন বলে অহংকার করে আসছি। বিশিষ্ট গুণশালী পুরুষের সঙ্গ পেয়ে সাধারণ মানুষ যেমন মোহিত হয়ে তাঁর হাতের খেলার পুতুল হয়ে পড়ে, আমি তো এঁকে দেখে সেরকম হইনি; বরং প্রথম থেকেই এঁকে অর্ধোন্মাদ বলে স্থির করেছি। তবে আমার সহসা এমন হওয়ার কারণ কী? ভেবেচিন্তে কিছুই স্থির করতে পারলাম না; প্রাণের ভিতর একটা বিষম গোলমাল বেধে রইল। মহাকবির কথা মনে পড়ল—‘পৃথিবীতে ও স্বর্গে এমন অনেক তত্ত্ব আছে, মানব-বুদ্ধি-প্রসূত দর্শনশাস্ত্র স্বপ্নেও যাদের রহস্যভেদের কল্পনা করতে পারে না।’ মনে করলাম, এটাও সেরকম একটা; ভেবেচিন্তে স্থির করলাম, এ ব্যাপার বোঝা যাবে না। সুতরাং দৃঢ় সংকল্প করলাম, অদ্ভুত পাগল নিজের প্রভাব বিস্তার করে ভবিষ্যতে আর কখনও যেন আমার মনের উপর আধিপত্য লাভ করে এমন ভাবান্তর ঘটাতে না পারে।”
ঠাকুরের সম্বন্ধে নরেন্দ্রের নানা জল্পনা ও তাঁকে বোঝার সংকল্প
“আবার ভাবতে লাগলাম, ইচ্ছা করলেই এই পুরুষ যদি আমার মতো প্রবল ইচ্ছাশক্তিসম্পন্ন মনের দৃঢ়সংস্কারময় গঠন এভাবে ভেঙেচুরে কাদার তালের মতো করে তাকে নিজের ভাবে ভাবিত করতে পারেন, তবে এঁকে পাগলই বা বলি কী করে? কিন্তু প্রথম দর্শনের সময় আমাকে একান্তে নিয়ে গিয়ে যেভাবে সম্বোধন করেছিলেন এবং যে-সব কথা বলেছিলেন, তা এঁর পাগলামির খেয়াল না ভেবে সত্য বলে কী করে মনে করতে পারি? সুতরাং ওই অদ্ভুত উপলব্ধির কারণ যেমন খুঁজে পেলাম না, শিশুর মতো পবিত্র ও সরল এই পুরুষের সম্বন্ধেও কিছু একটা স্থিরনিশ্চয় করতে পারলাম না। বুদ্ধির উন্মেষ হওয়ার পর থেকে দেখে, অনুসন্ধান করে ও যুক্তিতর্ক দিয়ে প্রত্যেক বস্তু ও ব্যক্তি সম্বন্ধে একটা মতামত স্থির না করে কখনও নিশ্চিন্ত হতে পারিনি, সেদিন সেই স্বভাবে দারুণ আঘাত পেয়ে প্রাণে একটা যন্ত্রণা হতে লাগল। ফলে, মনে আবার প্রবল সংকল্প জাগল, যেভাবে পারি এই অদ্ভুত পুরুষের স্বভাব ও শক্তির কথা যথাযথভাবে বুঝতে হবেই হবে।”
নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের পরিচিতের মতো ব্যবহার
“এভাবে নানা চিন্তা ও সংকল্পে সেদিন আমার সময় কাটতে লাগল। ঠাকুর কিন্তু ওই ঘটনার পরে যেন এক ভিন্ন ব্যক্তি হয়ে গেলেন এবং আগের দিনের মতো নানাভাবে আমাকে আদর-যত্ন করে খাওয়াতে ও সব বিষয়ে বহুকালের পরিচিতের মতো ব্যবহার করতে লাগলেন। অতি প্রিয় আত্মীয় বা সখাকে বহুকাল পরে কাছে পেলে লোকের যেমন হয়, আমার সঙ্গে তিনি ঠিক সেইরকম ব্যবহার করেছিলেন। খাইয়ে, কথা বলে, আদর এবং রঙ্গ-পরিহাস করে তাঁর যেন আর আশ মিটছিল না। তাঁর এমন ভালোবাসা ও ব্যবহারও আমার অল্প চিন্তার কারণ হয়নি। ক্রমে বিকেল প্রায় শেষ হয়ে এসেছে দেখে আমি তাঁর কাছে সেদিনকার মতো বিদায় চাইলাম। তিনি যেন তা শুনে বিশেষ ক্ষুণ্ণ হয়ে ‘আবার শিগগির আসবে, বলো’ বলে আগের মতো ধরে বসলেন। সুতরাং সেদিনও আমাকে আগের মতো আসব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দক্ষিণেশ্বর থেকে বাড়িতে ফিরতে হয়েছিল।”
নরেন্দ্রনাথের তৃতীয়বার আগমন
সেই ঘটনার কতদিন পরে নরেন্দ্রনাথ আবার ঠাকুরের কাছে এসেছিলেন, তা আমাদের জানা নেই। তবে ঠাকুরের ভিতরে এমন অদ্ভুত শক্তির পরিচয় পাওয়ার পরে তাঁকে জানার, বোঝার জন্য তাঁর মনে যে প্রবল বাসনা জেগেছিল, তা দেখে মনে হয়, এবার দক্ষিণেশ্বরে আসতে তাঁর দেরি হয়নি। সেই আগ্রহই তাঁকে যত শীঘ্র সম্ভব ঠাকুরের শ্রীপদপ্রান্তে নিয়ে এসেছিল, তবে কলেজের খাতিরে তা বোধ হয় এক সপ্তাহ পরে হয়েছিল। কোনো বিষয় অনুসন্ধান করার প্রবৃত্তি মনে একবার জেগে উঠলে নরেন্দ্রনাথের আহার-বিহার ও বিশ্রামের দিকে লক্ষ থাকত না এবং যতক্ষণ না সেই বিষয় আয়ত্ত করতে পারতেন, ততক্ষণ তাঁর প্রাণে শান্তি হত না। অতএব ঠাকুরকে জানার ব্যাপারে এই সময় তাঁর মন যে এমন হবে, তা বোঝা যায়। আবার পাছে আগের মতো তাঁর ভাবান্তর দেখা দেয়, এই আশঙ্কায় শ্রীযুত নরেন্দ্র যে নিজের মনকে বিশেষভাবে দৃঢ় ও সতর্ক করে তৃতীয়বার ঠাকুরের কাছে এসেছিলেন, এ কথাও বুঝতে দেরি হয় না। তবুও যা ঘটেছিল, তা কিন্তু অভাবনীয়। ঠাকুর ও শ্রীযুত নরেন্দ্রের কাছে সে বিষয়ে আমরা যা শুনেছি, তা-ই এখন পাঠককে বলছি।
সমাধিস্থ ঠাকুরের স্পর্শে নরেন্দ্রের বাহ্যসংজ্ঞার লোপ
দক্ষিণেশ্বরে সেদিন ভিড় ছিল বলেই হোক বা অন্য কোনো কারণেই হোক, ঠাকুর নরেন্দ্রনাথকে নিজের সঙ্গে পাশের শ্রীযুত যদুলাল মল্লিকের বাগানে বেড়াতে যেতে ডেকেছিলেন। যদুলালের মাতা ও তিনি নিজে ঠাকুরকে বিশেষ শ্রদ্ধা-ভক্তি করতেন এবং বাগানের প্রধান কর্মচারীকে তাঁদের আদেশ দেওয়া ছিল যে, তাঁরা উপস্থিত না থাকলেও ঠাকুর যখনই বাগানে বেড়াতে আসবেন, তখনই গঙ্গার ধারের বৈঠকখানা-ঘর তাঁর বসার জন্য খুলে দেবে। সেদিনও ঠাকুর নরেন্দ্রের সঙ্গে বাগানে ও গঙ্গাতীরে কিছুক্ষণ বেড়িয়ে নানা কথা বলতে বলতে সেই ঘরে এসে বসলেন এবং কিছুক্ষণ পরে সমাধিস্থ হয়ে পড়লেন। নরেন্দ্র অনতিদূরে বসে ঠাকুরের সেই অবস্থা স্থিরভাবে লক্ষ করছিলেন, এমন সময় ঠাকুর আগের দিনের মতো সহসা এসে তাঁকে স্পর্শ করলেন। নরেন্দ্র আগে থেকে সতর্ক থাকা সত্ত্বেও সেই শক্তিপূর্ণ স্পর্শে একেবারে অভিভূত হয়ে পড়লেন। আগের দিনের মতো নয়, এতে তাঁর বাহ্যসংজ্ঞা একেবারে লুপ্ত হল! কিছুক্ষণ পরে যখন তাঁর আবার চৈতন্য হল, তখন দেখলেন, ঠাকুর তাঁর বুকে হাত বুলিয়ে দিচ্ছেন এবং তাঁকে প্রকৃতিস্থ দেখে মৃদুমধুর হাসি হাসছেন!
বাহ্যসংজ্ঞা লুপ্ত হওয়ার পরে সেদিন শ্রীযুত নরেন্দ্রের ভিতরে কেমন অনুভব হয়েছিল, তার কোনো কথা তিনি আমাদের বলেননি। আমরা ভেবেছিলাম, বিশেষ রহস্যের ব্যাপার বলেই তিনি তা আমাদের কাছে প্রকাশ করেননি। কিন্তু কথাপ্রসঙ্গে ঠাকুর একদিন সেই ঘটনার কথা তুলে আমাদের যা বলেছিলেন, তা থেকে বুঝেছিলাম, নরেন্দ্রের তা মনে না থাকারই কথা। ঠাকুর বলেছিলেন –
সেই অবস্থায় নরেন্দ্রকে ঠাকুরের নানা প্রশ্ন
“বাহ্যসংজ্ঞা লোপ হলে সেদিন নরেন্দ্রকে নানা কথা জিজ্ঞাসা করেছিলাম—কে সে, কোথা থেকে এসেছে, কেন এসেছে (জন্মগ্রহণ করেছে), কতদিন এখানে (পৃথিবীতে) থাকবে, ইত্যাদি ইত্যাদি। সেও ওই অবস্থায় নিজের অন্তরে প্রবিষ্ট হয়ে সেসব প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিল। তার সম্বন্ধে যা কিছু দেখেছিলাম ও ভেবেছিলাম, তার তখনকার উত্তরগুলি তা-ই সপ্রমাণ করেছিল। সেসব কথা বলতে নিষেধ আছে। তা থেকেই কিন্তু জেনেছি, সে (নরেন্দ্র) যেদিন জানতে পারবে সে কে, সেদিন আর ইহলোকে থাকবে না, দৃঢ়সংকল্পের বলে যোগমার্গে তৎক্ষণাৎ শরীর পরিত্যাগ করবে! নরেন্দ্র ধ্যানসিদ্ধ মহাপুরুষ।”
নরেন্দ্রনাথের সম্বন্ধে ঠাকুরের অদ্ভুত দর্শন
নরেন্দ্রনাথের সম্বন্ধে আগে ঠাকুরের যে-সব দর্শন হয়েছিল, তার কিছু কিছু তিনি পরে এক সময়ে আমাদের বলেছিলেন। পাঠকের সুবিধার জন্য সেগুলি আমরা এখানেই বলছি। কারণ, ঠাকুরের কাছে সেই দর্শনের কথা শুনে মনে হয়েছিল, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসার আগেই তাঁর ওই দর্শন হয়েছিল! ঠাকুর বলেছিলেন –
“একদিন দেখছি—মন সমাধিপথে জ্যোতির্ময় বর্ত্মে উচ্চে উঠে যাচ্ছে; চন্দ্র-সূর্য-তারকামণ্ডিত স্থূলজগৎ সহজে অতিক্রম করে সে প্রথমে সূক্ষ্ম ভাবজগতে প্রবেশ করল। সেই রাজ্যের উচ্চ থেকে উচ্চতর স্তরে সে যতই আরোহণ করতে লাগল, ততই দেখতে পেলাম, পথের দুই পাশে নানা দেবদেবীর ভাবঘন বিচিত্র মূর্তি রয়েছে। ক্রমে সেই রাজ্যের চরম সীমায় সে এসে পৌঁছল। সেখানে দেখলাম, এক জ্যোতির্ময় ব্যবধান (বেড়া) প্রসারিত হয়ে খণ্ড ও অখণ্ডের রাজ্যকে পৃথক করে রেখেছে। এই ব্যবধান উল্লঙ্ঘন করে মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল, দেখলাম—সেখানে মূর্তিবিশিষ্ট কেউ বা কিছুই আর নেই, দিব্যদেহধারী দেবদেবীরা পর্যন্ত যেন এখানে প্রবেশ করতে শঙ্কিত হয়ে বহুদূর নিচে নিজ নিজ অধিকার বিস্তার করে রয়েছেন। কিন্তু পরক্ষণেই দেখতে পেলাম, দিব্যজ্যোতিঃঘনতনু সাতজন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন। বুঝলাম, জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে এঁরা মানুষ তো দূরের কথা, দেবদেবীদের পর্যন্ত অতিক্রম করেছেন। বিস্মিত হয়ে এঁদের কথা ও মহত্ত্বের বিষয় চিন্তা করছি, এমন সময়ে দেখি, সামনের অখণ্ডের ঘরের ভেদমাত্রবিরহিত, সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হল। সেই দেব-শিশু এঁদের একজনের কাছে অবতরণ করে নিজের অপূর্ব সুললিত বাহুযুগল দিয়ে প্রেমে তাঁর কণ্ঠ জড়িয়ে ধরল; পরে বীণানিন্দিত অমৃতময়ী বাণীতে সাদরে ডেকে সমাধি থেকে তাঁকে প্রবুদ্ধ করতে অশেষ প্রযত্ন করতে লাগল। সুকোমল প্রেমস্পর্শে ঋষি সমাধি থেকে ব্যুত্থিত হলেন এবং অর্ধস্তিমিত নির্নিমেষ লোচনে সেই অপূর্ব বালককে নিরীক্ষণ করতে লাগলেন। তাঁর মুখের প্রসন্নোজ্জ্বল ভাব দেখে মনে হল, বালকটি যেন তাঁর বহুকালের পূর্বপরিচিত হৃদয়ের ধন। অদ্ভুত দেব-শিশু তখন অসীম আনন্দ প্রকাশ করে তাঁকে বলতে লাগল, ‘আমি যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে।’ ঋষি তার এই অনুরোধে কোনো কথা না বললেও তাঁর প্রেমপূর্ণ নয়ন তাঁর অন্তরের সম্মতি ব্যক্ত করল। পরে তেমনই সপ্রেম দৃষ্টিতে বালককে কিছুক্ষণ দেখতে দেখতে তিনি পুনরায় সমাধিস্থ হয়ে পড়লেন। তখন বিস্মিত হয়ে দেখি, তাঁরই শরীর-মনের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে পরিণত হয়ে বিলোমমার্গে ধরাধামে অবতরণ করছে! নরেন্দ্রকে দেখামাত্র বুঝেছিলাম, এ সেই ব্যক্তি!”[1]
অদ্ভুত প্রত্যক্ষের ফলে নরেন্দ্রের ঠাকুরের সম্বন্ধে ধারণা
সে যা হোক, ঠাকুরের অলৌকিক শক্তিপ্রভাবে নরেন্দ্রের মনে দ্বিতীয়বার এমন ভাবান্তর ঘটার ফলে তিনি যে একেবারে স্তম্ভিত হয়েছিলেন, এ কথা বলা বাহুল্য। তিনি প্রাণে প্রাণে অনুভব করেছিলেন, এই দুরতিক্রমণীয় দৈবশক্তির কাছে তাঁর মন ও বুদ্ধির শক্তি কতটা অকিঞ্চিৎকর! ঠাকুরকে অর্ধোন্মাদ বলে আগে তাঁর যে ধারণা ছিল, তা পরিবর্তিত হল, কিন্তু দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রীপদপ্রান্তে যেদিন তিনি প্রথম উপস্থিত হন, সেদিন ঠাকুর তাঁকে একান্তে যে-সব কথা বলেছিলেন, সেগুলির অর্থ ও উদ্দেশ্য যে এই ঘটনায় তাঁর হৃদয়ঙ্গম হয়েছিল, তা বলা যায় না। তিনি বুঝেছিলেন, ঠাকুর দৈবশক্তিসম্পন্ন অলৌকিক মহাপুরুষ। ইচ্ছা করলেই নরেন্দ্রের মতো মানুষের মনকে ফিরিয়ে তিনি উচ্চপথে চালিত করতে পারেন; তবে বোধ হয়, ভগবদিচ্ছার সঙ্গে তাঁর ইচ্ছা সম্পূর্ণ একীভূত হয়ে আছে বলেই সকলের সম্বন্ধে তাঁর মনে এমন ইচ্ছার উদয় হয় না; এবং এই অলৌকিক পুরুষের এমন অযাচিত কৃপা লাভ করা তাঁর পক্ষে অল্প ভাগ্যের কথা নয়।
এর ফলে নরেন্দ্রের গুরুবিষয়ক ধারণার পরিবর্তন
এই মীমাংসায় নরেন্দ্রনাথকে বাধ্য হয়েই আসতে হয়েছিল এবং আগের অনেকগুলি ধারণাও সেই অনুসারে তাঁকে পরিবর্তন করতে হয়েছিল। নিজের মতো দুর্বল, স্বল্প দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষকে অধ্যাত্মজগতের পথপ্রদর্শক বা শ্রীগুরুরূপে গ্রহণ করতে এবং নির্বিচারে তাঁর সব কথা পালন করতে আগে তাঁর একান্ত আপত্তি ছিল। ব্রাহ্মসমাজে প্রবেশ করার পর সেই ধারণা আরও পুষ্ট হয়েছিল, এ কথা বলতে হবে না। ওই দুই দিনের ঘটনার ফলে তাঁর সেই ধারণায় বিষম আঘাত লাগল। তিনি বুঝলেন, বিরল হলেও সত্য সত্যই এমন মহাপুরুষেরা সংসারে জন্মপরিগ্রহ করেন, যাঁদের অলৌকিক ত্যাগ, তপস্যা, প্রেম ও পবিত্রতা সাধারণ মানুষের ক্ষুদ্র মনবুদ্ধিপ্রসূত ঈশ্বরসম্বন্ধীয় ধারণাকে বহুদূরে অতিক্রম করে, সুতরাং এঁদের গুরুরূপে গ্রহণ করলে তাদের মঙ্গল হয়। বস্তুত, ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করতে সম্মত হলেও তিনি নির্বিচারে তাঁর সব কথা গ্রহণ করতে তখনও রাজি হননি।
ঠাকুরের সংসর্গে নরেন্দ্রের ত্যাগ-বৈরাগ্যের ভাববৃদ্ধি
ত্যাগ ছাড়া ঈশ্বরলাভ হয় না, পূর্বসংস্কারের বশে এই ধারণা নরেন্দ্রনাথের মনে বাল্যকাল থেকেই প্রবল ছিল। সেজন্য ব্রাহ্মসমাজে প্রবেশ করলেও তার ভিতরের দাম্পত্য-জীবনসংস্কার-সম্বন্ধীয় সভা-সমিতিতে যোগ দিতে তাঁর প্রবৃত্তি হয়নি। সর্বস্বত্যাগী ঠাকুরের পুণ্যদর্শন ও অপূর্ব শক্তির পরিচয় পাওয়ার ফলে তাঁর মধ্যে সেই ত্যাগের ভাব এই সময় থেকে বিশেষভাবে বেড়ে উঠেছিল।
পরীক্ষা না করে ঠাকুরের কোনো কথা গ্রহণ না করার জন্য নরেন্দ্রের সংকল্প
কিন্তু একটি বিষয় এই সময় থেকে শ্রীযুত নরেন্দ্রের সবচেয়ে বড় চিন্তার বিষয় হল। তিনি বুঝেছিলেন, এমন শক্তিশালী মহাপুরুষের সংস্রবে এসে মানুষের মন আধাআধি পরীক্ষা করে, অথবা পরীক্ষা না করেই, তাঁর সব কথায় বিশ্বাস করে বসে। তা থেকে নিজেকে বাঁচাতে হবে। সেজন্য ওই দুই দিনের ঘটনায় ঠাকুরের প্রতি তাঁর মনে বিশেষ ভক্তি-শ্রদ্ধার উদয় হলেও তিনি তখন থেকে দৃঢ়সংকল্প করেছিলেন যে, বিশেষ পরীক্ষা করে নিজে অনুভব বা প্রত্যক্ষ না করে ঠাকুরের অদ্ভুত দর্শন-সম্বন্ধীয় কোনো কথা কখনও গ্রহণ করবেন না, এতে তাঁর অপ্রিয়ভাজন হতে হয়, তা-ও স্বীকার। সুতরাং আধ্যাত্মিক জগতের অভিনব অদৃষ্টপূর্ব তত্ত্বগুলি গ্রহণ করার জন্য মনকে সর্বদা প্রস্তুত রাখতে একদিকে তিনি যেমন যত্নশীল হয়েছিলেন, অন্যদিকে তেমনই আবার সেই থেকে ঠাকুরের প্রত্যেক অদ্ভুত দর্শন ও ব্যবহার কঠোরভাবে বিচার করতে শুরু করেছিলেন।
এরপর থেকে নরেন্দ্রের আচরণ
নরেন্দ্রনাথের সুতীক্ষ্ণ বুদ্ধিতে এ কথা সহজেই প্রতিভাত হয়েছিল যে, প্রথম দিনের যে-সব কথার জন্য তিনি ঠাকুরকে অর্ধোন্মাদ বলে ধারণা করেছিলেন, কেবলমাত্র তাঁকে অবতার বলে স্বীকার করলেই সেই-সব কথার অর্থবোধ হয়। কিন্তু তাঁর সত্যানুসন্ধিৎসু যুক্তিপরায়ণ মন সে কথা সহসা স্বীকার করে কেমন করে? সুতরাং ঈশ্বর যদি কখনও তাঁকে ওইসব কথা বোঝার সামর্থ্য দেন, তখন সেগুলি নিয়ে আলোচনা করবেন, এমন ঠিক করে তিনি সেগুলি সম্বন্ধে একটা মতামত স্থির করতে না গিয়ে, কেমন করে ঈশ্বর-দর্শন করে নিজে কৃতকৃতার্থ হবেন, এই সময় থেকে ঠাকুরের কাছে এসে তা-ই শিখতে ও তা নিয়ে আলোচনা করতে লাগলেন।
নরেন্দ্রের এই সময়ের মানসিক অবস্থা
তেজস্বী মন কোনো নতুনত্ব গ্রহণ করার সময় পূর্বমতের পরিবর্তন করতে গিয়ে নিজের ভিতরে একটা প্রবল বাধা অনুভব করে। নরেন্দ্রনাথেরও এই সময় ঠিক এমন অবস্থা হয়েছিল। তিনি ঠাকুরের অদ্ভুত শক্তির পরিচয় পেয়েও তাঁকে সম্যক গ্রহণ করতে পারছিলেন না, এবং আকর্ষণ অনুভব করেও তা থেকে দূরে দাঁড়াতে চেষ্টা করছিলেন। তাঁর এই চেষ্টার ফলে কতটা কী দাঁড়িয়েছিল, তা আমরা পরে দেখতে পাব।
[1] ঠাকুর তাঁর অপূর্ব সরল ভাষায় ওই দর্শনের কথা আমাদের বলেছিলেন। সেই ভাষার যথাযথ প্রয়োগ আমাদের পক্ষে অসম্ভব। অগত্যা তাঁর ভাষা যথাসাধ্য রেখে আমরা তা এখানে সংক্ষেপে ব্যক্ত করলাম। দর্শনের দেবশিশুটির সম্বন্ধে জিজ্ঞাসা করে আমরা অন্য এক সময়ে জেনেছিলাম, ঠাকুর স্বয়ং সেই শিশুর আকার ধারণ করেছিলেন।
নরেন্দ্রের পূর্ব-জীবনের অসাধারণ প্রত্যক্ষসমূহ—নিদ্রার আগে জ্যোতিঃদর্শন
আমরা বলেছি, অদ্ভুত পুণ্যসংস্কারসমূহ নিয়ে শ্রীযুত নরেন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। সেজন্য সাধারণ মানুষের থেকে ভিন্ন ভাবের প্রত্যক্ষ তাঁর জীবনে নানা বিষয়ে আগেই দেখা দিয়েছিল। দৃষ্টান্ত হিসেবে তেমন কয়েকটির কথা বললেই পাঠক বুঝতে পারবেন। নরেন্দ্র বলতেন—“আজীবন, ঘুমোব বলে চোখ বুজলেই ভ্রূমধ্যভাগে এক অপূর্ব জ্যোতির্বিন্দু দেখতে পেতাম এবং এক মনে তার নানারকম পরিবর্তন লক্ষ করে যেতাম। সেটা দেখার সুবিধা হবে বলে আমি বিছানায় শুতাম সেইভাবে, যেভাবে লোকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে। সেই অপূর্ব বিন্দু নানা বর্ণে পরিবর্তিত ও বর্ধিত হয়ে ক্রমে বিম্বাকারে পরিণত হত এবং পরিশেষে ফেটে গিয়ে আপাদমস্তক শুভ্র-তরল জ্যোতিতে আবৃত করে ফেলত! —এমন হওয়ামাত্র চেতনালুপ্ত হয়ে ঘুমিয়ে পড়তাম! আমি জানতাম, এভাবেই সকলে ঘুমোয়। বহুকাল পর্যন্ত এই ধারণা ছিল। বড় হয়ে যখন ধ্যানাভ্যাস করতে আরম্ভ করলাম তখন চোখ বুজলেই সেই জ্যোতির্বিন্দু প্রথমেই সামনে এসে দেখা দিত এবং তাতেই চিত্ত একাগ্র করতাম। মহর্ষি দেবেন্দ্রনাথের উপদেশে কয়েকজন বন্ধুর সঙ্গে যখন প্রতিদিন ধ্যানাভ্যাস করতে লাগলাম, তখন ধ্যান করার সময় কার কেমন দর্শন ও উপলব্ধি হল, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতাম। সেই সময়ে তাদের কথাতেই বুঝেছিলাম, এমন জ্যোতিঃদর্শন তাদের কখনও হয়নি এবং তাদের কেউই আমার মতো ওইভাবে ঘুমোয় না!”
দেশ-কাল-পাত্রবিশেষ-দর্শনে পূর্বস্মৃতির উদয়
“আবার বাল্যকাল থেকে সময়ে সময়ে কোনো বস্তু, ব্যক্তি বা জায়গা দেখামাত্র মনে হত, তাদের সঙ্গে আমি বিশেষ পরিচিত, আগে কোথাও তাদের দেখেছি! স্মরণ করতে চেষ্টা করতাম, কিছুতেই মনে আসত না—কিন্তু কোনোমতেই ধারণা হত না যে, তাদের আগে দেখিনি! প্রায়ই মধ্যে মধ্যে এমন হত! হয়তো, বন্ধুবান্ধবের সঙ্গে মিলে কোনো এক জায়গায় নানা বিষয়ের আলোচনা চলছে, এমন সময় তাদের মধ্যে একজন একটা কথা বলল, অমনি সহসা মনে হল—তাই তো, এই বাড়িতে, এই সব মানুষের সঙ্গে, এই বিষয় নিয়ে আলাপ যে আগে করেছি, এবং তখনও যে এই মানুষটি এরকম কথা বলেছিল! কিন্তু ভেবেচিন্তে কিছুতেই স্থির করতে পারতাম না—কোথায়, কবে এদের সঙ্গে আগে এরকম আলাপ হয়েছিল! পুনর্জন্মবাদের বিষয়ে যখন জানলাম তখন ভেবেছিলাম, তবে বুঝি জন্মান্তরে ওইসব দেশ ও পাত্রের সঙ্গে পরিচিত হয়েছিলাম, এবং তারই আংশিক স্মৃতি কখনও কখনও আমার অন্তরে এভাবে দেখা দেয়। পরে বুঝেছি, এ বিষয়ের ওরকম মীমাংসা যুক্তিযুক্ত নয়। এখন[1] মনে হয়, ইহজন্মে যে-সব বিষয় ও ব্যক্তির সঙ্গে আমাকে পরিচিত হতে হবে, জন্মের আগে সেসব আমি কোনোভাবে চিত্রপরম্পরায় দেখতে পেয়েছিলাম এবং তারই স্মৃতি, জন্মের পরে, আমার অন্তরে আজীবন সময়ে সময়ে জেগে ওঠে।”
ঠাকুরের দৈবীশক্তি প্রত্যক্ষ করে নরেন্দ্রের জল্পনা ও বিস্ময়
ঠাকুরের পবিত্র জীবন এবং সমাধিস্থ হওয়ার কথা নানা লোকের[2] কাছ থেকে শুনে শ্রীযুত নরেন্দ্র তাঁকে দর্শন করতে এসেছিলেন। তাঁকে দেখে নিজের কোনো অবস্থান্তর বা অদ্ভুত প্রত্যক্ষ হবে, এ কথা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ঘটনা কিন্তু অন্যরকম দাঁড়াল। দক্ষিণেশ্বরে, ঠাকুরের শ্রীপদপ্রান্তে এসে উপর্যুপরি দুই দিন তাঁর যে অলৌকিক প্রত্যক্ষ হল, তার তুলনায় আগে দেখা তাঁর প্রত্যক্ষগুলি নিতান্ত ম্লান ও অকিঞ্চিৎকর বলে বোধ হতে লাগল, এবং সেই প্রত্যক্ষের ইয়ত্তা করতে গিয়ে তাঁর অসাধারণ বুদ্ধি পরাভব স্বীকার করল। সুতরাং ঠাকুরের বিষয় অনুধাবন করতে গিয়ে তিনি এবার বিষম সমস্যায় পড়লেন। কারণ, ঠাকুরের অচিন্ত্য দৈবীশক্তির সাহায্যেই যে তাঁর এমন অদৃষ্টপূর্ব প্রত্যক্ষ হয়েছিল, এ বিষয়ে সংশয় করার বিন্দুমাত্র কারণও তিনি অনুসন্ধান করেও পাননি, এবং মনে মনে এ নিয়ে যতই আলোচনা করতেন ততই বিস্ময়সাগরে নিমগ্ন হতেন।
নরেন্দ্র কতটা উচ্চ অধিকারী ছিলেন
বাস্তবিক, ঠাকুরের কাছে এসে নরেন্দ্রনাথের সহসা যে অদ্ভুত প্রত্যক্ষ হয়েছিল, তা ভাবলে বিস্ময়ের অবধি থাকে না। শাস্ত্র বলেন, স্বল্পশক্তিসম্পন্ন সামান্য-অধিকারী মানুষের জীবনে এমন প্রত্যক্ষ বহুকালের ত্যাগ ও তপস্যায় কদাচিৎ দেখা দেয়, এবং কোনোভাবে একবার দেখা দিলে শ্রীগুরুর ভিতরে ঈশ্বরপ্রকাশ উপলব্ধি করে মোহিত হয়ে সে একেবারে তাঁর বশ্যতা স্বীকার করে। নরেন্দ্র যে তা করেননি—এ স্বল্প বিস্ময়ের কথা নয়; এবং এ থেকেই বোঝা যায় তিনি আধ্যাত্মিক জগতে কতটা উচ্চ অধিকারী ছিলেন। অতি উচ্চ আধার ছিলেন বলেই সেই ঘটনায় তিনি একেবারে আত্মহারা হয়ে পড়েননি, এবং সংযত থেকে ঠাকুরের অলৌকিক চরিত্র ও আচরণের পরীক্ষায় ও কারণ নির্ণয়ে নিজেকে বহুকাল ধরে নিযুক্ত রাখতে পেরেছিলেন। কিন্তু অভিভূত না হলেও এবং একেবারে বশ্যতা স্বীকার না করলেও, তিনি এই সময় থেকে ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন, এতে সন্দেহ নেই।
নরেন্দ্রের প্রতি ঠাকুর কতটা আকৃষ্ট হয়েছিলেন
অন্য দিকে, প্রথম সাক্ষাতের দিন থেকে ঠাকুরও নরেন্দ্রনাথের প্রতি একটা প্রবল আকর্ষণ অনুভব করে আসছিলেন। অপরোক্ষবিজ্ঞানসম্পন্ন মহানুভব গুরু সুযোগ্য শিষ্যকে দেখামাত্র নিজের সমুদয় জীবন-প্রত্যক্ষ তার অন্তরে ঢেলে দেওয়ার আকুল আগ্রহে যেন একেবারে অধীর হয়ে উঠেছিলেন। সেই গভীর আগ্রহের পরিমাণ হয় না; সেই স্বার্থগন্ধশূন্য অহেতুক অধৈর্য পূর্ণসংযত-আত্মারাম গুরুদের হৃদয়ে কেবলমাত্র দৈব প্রেরণাতেই জেগে ওঠে। এমন প্রেরণার বশেই জগদ্গুরু মহাপুরুষেরা উত্তম অধিকারী শিষ্যকে দেখামাত্র অভয় ব্রহ্মজ্ঞপদবিতে আরূঢ় করিয়ে তাকে আপ্তকাম ও পূর্ণ করেন।[3]
প্রথম দিনে নরেন্দ্রকে ব্রহ্মজ্ঞ-পদবিতে আরূঢ় করানোর জন্য ঠাকুরের চেষ্টা
নরেন্দ্রনাথ যেদিন দক্ষিণেশ্বরে একা আসেন, ঠাকুর যে সেদিন তাঁকে একেবারে সমাধিস্থ করে ব্রহ্মজ্ঞপদবিতে আরূঢ় করানোর দিকে প্রবলভাবে আকৃষ্ট হয়েছিলেন, এতে সংশয়মাত্র নেই। কারণ, এর তিন-চার বছর পরে শ্রীযুত নরেন্দ্র যখন সম্পূর্ণভাবে ঠাকুরের বশ্যতা স্বীকার করেছিলেন এবং নির্বিকল্প সমাধিলাভের জন্য ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করছিলেন, তখন এই ঘটনার উল্লেখ করে ঠাকুর আমাদের সামনে তাঁকে অনেক সময় বলতেন, “কেন? তুই যে তখন বলেছিলি তোর বাপ-মা আছে, তাদের সেবা করতে হবে?” আবার কখনও বা বলতেন, “দেখ, একজন মরে ভূত হয়েছিল। অনেক কাল একা থাকায় সঙ্গীর অভাব বোধ করে সে চারদিকে খুঁজতে আরম্ভ করল। কেউ কোথাও মরেছে শুনলেই সে সেখানে ছুটে যেত। ভাবত, এবার বুঝি তার একজন সঙ্গী জুটবে। কিন্তু দেখত, মরা লোকটি গঙ্গাজলের স্পর্শে বা অন্য কোনো উপায়ে উদ্ধার হয়ে গেছে। তাই ক্ষুণ্ণ মনে ফিরে এসে সে আবার আগের মতো একা দিন কাটাত। এভাবে সেই ভূতের সঙ্গীর অভাব আর কিছুতেই ঘোচেনি। আমারও ঠিক সেইরকম দশা হয়েছে। তোকে দেখে ভেবেছিলাম এবার বুঝি আমার একটি সঙ্গী জুটল—কিন্তু তুইও বললি, তোর বাপ-মা আছে। কাজেই আমার আর সঙ্গী পাওয়া হল না!” এভাবে সেদিনের ঘটনার উল্লেখ করে ঠাকুর পরে নরেন্দ্রনাথের সঙ্গে অনেক সময় রঙ্গ-পরিহাস করতেন।
নরেন্দ্রের প্রথম ও দ্বিতীয় দিনের অদ্ভুত প্রত্যক্ষের মধ্যে প্রভেদ
সে যা হোক, সমাধিস্থ হওয়ার উপক্রমে নরেন্দ্রনাথের হৃদয়ে দারুণ ভয়ের সঞ্চার হতে দেখে ঠাকুর সেদিন যেভাবে নিরস্ত হয়েছিলেন, তা আমরা আগেই বলেছি। ঘটনা এমন হওয়ায় নরেন্দ্রের সম্বন্ধে ঠাকুর আগে যা দর্শন ও উপলব্ধি করেছিলেন, সে বিষয়ে তাঁর সন্দিহান হওয়া বিচিত্র নয়। আমাদের অনুমান, সেজন্যই নরেন্দ্র তৃতীয় দিন দক্ষিণেশ্বরে এলে ঠাকুর শক্তিবলে তাঁকে অভিভূত করে তাঁর জীবন সম্বন্ধে নানা রহস্যকথা তাঁর কাছ থেকে জেনে নিয়েছিলেন, এবং নিজের প্রত্যক্ষগুলির সঙ্গে সেগুলির ঐক্য দেখে নিশ্চিন্ত হয়েছিলেন। এই অনুমান সত্য হলে এটাই বুঝতে হয় যে, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এসে ওই দুই দিনে একই প্রকারের সমাধি-অবস্থা লাভ করেননি। ফলেও দেখা যায়, সেই দুই দিনে তাঁর দুই বিভিন্ন প্রকারের উপলব্ধি হয়েছিল।
নরেন্দ্রের সম্বন্ধে ঠাকুরের ভয়
নরেন্দ্রনাথকে ওইভাবে পরীক্ষা করে ঠাকুর এক দিক থেকে নিশ্চিন্ত হলেও, তাঁর সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়েছিলেন, এমন বলা যায় না। কারণ, তিনি দেখেছিলেন, যে-সব গুণ বা শক্তিপ্রকাশের মাত্র একটির বা দুটির অধিকারী হয়ে মানুষ সংসারে জনসাধারণের মধ্যে বিপুল প্রতিপত্তি লাভ করে, নরেন্দ্রনাথের অন্তরে এমন আঠারোটি শক্তিপ্রকাশ পূর্ণমাত্রায় বিদ্যমান, এবং ঈশ্বর, জগৎ ও মানব-জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চরম সত্য উপলব্ধি করে শ্রীযুত নরেন্দ্র সেগুলিকে সম্যকভাবে আধ্যাত্মিক পথে নিযুক্ত করতে না পারলে ফল বিপরীত হয়ে দাঁড়াবে। ঠাকুর বলতেন, তেমন হলে নরেন্দ্র অন্য সব নেতার মতো শুধু এক নবীন মত ও দল সৃষ্টি করে জগতে খ্যাতিলাভ করে যাবে; কিন্তু বর্তমান যুগ-প্রয়োজন পূর্ণ করার জন্য যে উদার আধ্যাত্মিক তত্ত্বের উপলব্ধি ও প্রচার আবশ্যক, তা প্রত্যক্ষ করা এবং সেই তত্ত্বের প্রতিষ্ঠায় সাহায্য করে জগতের যথার্থ কল্যাণসাধন করা তার পক্ষে সম্ভবপর হবে না। সুতরাং নরেন্দ্র যাতে স্বেচ্ছায় সম্পূর্ণভাবে তাঁকে অনুসরণ করে তাঁর মতো আধ্যাত্মিক তত্ত্বগুলির সাক্ষাৎ উপলব্ধি করতে পারেন, সেজন্য এই সময় থেকে ঠাকুরের প্রাণে অসীম আগ্রহ জেগেছিল। ঠাকুর সর্বদা বলতেন—গেঁড়ে, ডোবা প্রভৃতি যে-সব জলাধারে স্রোত নেই সেখানেই যেমন দল বা নানারকম উদ্ভিজ্জ-দাম জন্মাতে দেখা যায়, তেমনই আধ্যাত্মিক জগতে যেখানে আংশিক সত্যমাত্রকে মানুষ পূর্ণ সত্য বলে ধারণা করে নিশ্চিন্ত হয়ে বসে, সেখানেই দল বা গণ্ডিনিবদ্ধ সংঘ দেখা দেয়। অসাধারণ মেধা ও মানসিক-গুণসম্পন্ন নরেন্দ্রনাথ বিপথে গিয়ে পাছে সেরকম করে বসেন, এই ভয়ে ঠাকুর কতভাবে তাঁকে পূর্ণসত্যের অধিকারী করার চেষ্টা করেছিলেন, তা ভেবে বিস্মিত হতে হয়।
ঠাকুরের নরেন্দ্রের প্রতি অসাধারণ আকর্ষণের কারণ
অতএব দেখা যাচ্ছে, নরেন্দ্রনাথের সঙ্গে মিলিত হওয়ার শুরু থেকেই ঠাকুর নানা কারণে তাঁর প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেছিলেন, এবং যতদিন না তিনি বুঝতে পারলেন যে, নরেন্দ্রের আর ওইভাবে বিপথে যাওয়ার সম্ভাবনা নেই, ততদিন পর্যন্ত সেই আকর্ষণ তাঁর মধ্যে সহজ স্বাভাবিক ভাব ধারণ করেনি। সেইসব কারণ অনুধাবন করলে স্পষ্ট হৃদয়ঙ্গম হয়, তাদের কতকগুলি নরেন্দ্রনাথ সম্বন্ধে ঠাকুরের নিজের অদ্ভুত দর্শনগুলি থেকে জন্মেছিল, এবং বাকিগুলি, পাছে নরেন্দ্র কালধর্মপ্রভাবে দারৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা প্রভৃতি কোনো বন্ধনকে স্বেচ্ছায় স্বীকার করে নিয়ে তাঁর মহৎ জীবনের চরম লক্ষ্য সাধন করতে আংশিকভাবে অসমর্থ হন, এই ভয় থেকে জেগেছিল।
সেই আকর্ষণ জাগা যেন স্বাভাবিক ও অবশ্যম্ভাবী
বহুকালের ত্যাগ ও তপস্যার ফলে ক্ষুদ্র ‘অহং মম’-বুদ্ধি সম্পূর্ণভাবে তিরোহিত হওয়ায় জগৎ-কারণের সঙ্গে নিত্য অদ্বৈতভাবে অবস্থিত ঠাকুর ঈশ্বরের জনকল্যাণসাধনরূপ কর্মকে নিজের বলে অনুক্ষণ উপলব্ধি করতেন। তারই প্রভাবে তাঁর হৃদয়ঙ্গম হয়েছিল যে, বর্তমান যুগের ধর্মগ্লানি-নাশ-রূপ সুমহৎ কার্য তাঁর শরীর-মনকে যন্ত্র করে সাধিত হোক, এটাই বিরাটেচ্ছার অভিপ্রেত। আবার তারই প্রভাবে তিনি বুঝতে পেরেছিলেন, ক্ষুদ্র স্বার্থসুখের জন্য শ্রীযুত নরেন্দ্র জন্মপরিগ্রহ করেননি, বরং ঈশ্বরের প্রতি একান্ত অনুরাগে ওই জনকল্যাণসাধনরূপ কর্মে তাঁকে সাহায্য করতেই এসেছেন। সুতরাং স্বার্থশূন্য নিত্যমুক্ত নরেন্দ্রনাথকে ঠাকুরের পরমাত্মীয় বলে বোধ হবে এবং তাঁর প্রতি তিনি প্রবলভাবে আকৃষ্ট হবেন, এতে বিচিত্র কী? অতএব আপাতদৃষ্টিতে নরেন্দ্রনাথের প্রতি ঠাকুরের আকর্ষণ দেখে বিস্ময় জাগলেও, সেই আকর্ষণ যে স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী, তা অল্প চিন্তা করলেই বোঝা যায়।
নরেন্দ্রের প্রতি ঠাকুরের ভালোবাসা সাংসারিক ভাবের নয়
প্রথম দর্শনের দিন থেকেই ঠাকুর নরেন্দ্রনাথকে কতটা নিকটাত্মীয় বলে মনে করতেন এবং কেমন তন্ময়ভাবে ভালোবাসতেন, তার আভাস দেওয়া একপ্রকার সাধ্যাতীত বলে আমাদের বোধ হয়। সংসারী মানুষ যে-সব কারণে অন্যকে আপন মনে করে হৃদয়ের ভালোবাসা অর্পণ করে, তার কিছুমাত্র এখানে ছিল না; কিন্তু নরেন্দ্রের বিরহে এবং মিলনে ঠাকুরের যে ব্যাকুলতা এবং উল্লাস দেখেছি, তার বিন্দুমাত্রও অন্য কোথাও দেখা আমাদের ভাগ্যে ঘটে ওঠেনি। নিষ্কারণে একজন অন্যকে যে এতটা ভালোবাসতে পারে, তা আগে আমাদের জানা ছিল না! নরেন্দ্রের প্রতি ঠাকুরের অদ্ভুত প্রেম দেখেই বুঝতে পেরেছি, কালে সংসারে এমন দিন আসবে যখন মানুষ মানুষের মধ্যে ঈশ্বরপ্রকাশ উপলব্ধি করে সত্য সত্যই তেমন নিষ্কারণে ভালোবেসে কৃতকৃতার্থ হবে।
এই ভালোবাসা সম্বন্ধে স্বামী প্রেমানন্দের কথা
নরেন্দ্র ঠাকুরের কাছে আসার কিছুকাল পরে স্বামী প্রেমানন্দ প্রথম দক্ষিণেশ্বরে এসেছিলেন। নরেন্দ্রনাথ তার আগে এক সপ্তাহ বা কিছু বেশি সময় দক্ষিণেশ্বরে আসতে না পারায় ঠাকুর তখন তাঁর জন্য কেমন উৎকণ্ঠিত হয়ে ছিলেন, তা দেখে স্বামী প্রেমানন্দ মোহিত হয়ে সে কথা আমাদের কাছে অনেকবার কীর্তন করেছেন। তিনি বলেন –
স্বামী প্রেমানন্দের প্রথম দিন দক্ষিণেশ্বরে আগমন ও ঠাকুরকে নরেন্দ্রের জন্য উৎকণ্ঠিত দর্শন
“স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে হাটখোলার ঘাটে নৌকায় উঠতে গিয়ে সেদিন রামদয়ালবাবুকে সেখানে দেখতে পেলাম। তিনিও দক্ষিণেশ্বরে যাচ্ছেন জেনে আমরা একসঙ্গেই এক নৌকায় উঠলাম এবং প্রায় সন্ধ্যার সময় রানী রাসমণির কালীবাড়িতে পৌঁছোলাম। ঠাকুরের ঘরে এসে শুনলাম, তিনি মন্দিরে ৺জগদম্বাকে দর্শন করতে গিয়েছেন। স্বামী ব্রহ্মানন্দ আমাদের সেখানে অপেক্ষা করতে বলে তাঁকে আনার জন্য মন্দিরের দিকে চলে গেলেন, এবং কিছুক্ষণ পরেই তাঁকে অতি সন্তর্পণে ধরে ‘এখানটায় সিঁড়ি, উঠতে হবে—এখানটায় নামতে হবে’ ইত্যাদি বলতে বলতে নিয়ে আসছেন, দেখতে পেলাম। আগেই তাঁর ভাববিভোর হয়ে বাহ্যসংজ্ঞা হারানোর কথা শুনেছিলাম। তাই ঠাকুরকে তখন এভাবে মাতালের মতো টলতে টলতে আসতে দেখে বুঝলাম, তিনি ভাবাবেশে রয়েছেন। ওইভাবে ঘরে ঢুকে তিনি ছোট তক্তপোশখানির উপর বসলেন, এবং অল্পক্ষণ পরে প্রকৃতিস্থ হয়ে পরিচয় জিজ্ঞাসা করে আমার মুখ ও হাত-পা প্রভৃতির লক্ষণ পরীক্ষা করতে শুরু করলেন। কনুই থেকে আঙুল পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করার জন্য কিছুক্ষণ নিজের হাতে ধরে বললেন, ‘বেশ’। ওভাবে কী বুঝলেন, তা তিনিই জানেন। তারপর রামদয়ালবাবুকে শ্রীযুত নরেন্দ্রের শরীর কেমন আছে জিজ্ঞাসা করলেন এবং তিনি ভালো আছেন জেনে বললেন, ‘সে অনেকদিন এখানে আসেনি, তাকে দেখতে বড় ইচ্ছা হয়েছে, একবার আসতে বোলো।’”
ঠাকুরের সারারাত দারুণ উৎকণ্ঠা দেখে প্রেমানন্দের চিন্তা
“ধর্মবিষয়ক নানা কথাবার্তায় কয়েক ঘণ্টা বিশেষ আনন্দে কাটল। ক্রমে দশটা বাজার পরে আমরা খাওয়াদাওয়া করলাম, এবং ঠাকুরের ঘরের পুব দিকে—উঠানের উত্তরে যে বারান্দা আছে, সেখানে শুয়ে পড়লাম। ঠাকুর এবং স্বামী ব্রহ্মানন্দের জন্য ঘরের ভিতরেই বিছানা করা হল। শোয়ার পরে এক ঘণ্টা কাটতে-না-কাটতে ঠাকুর পরনের কাপড়খানি বালকের মতো বগলে নিয়ে ঘরের বাইরে আমাদের বিছানার পাশে এসে রামদয়ালবাবুকে ডেকে বললেন, ‘ওগো, ঘুমুলে?’ আমরা দুজনে শশব্যস্তে বিছানায় উঠে বসে বললাম, ‘আজ্ঞে না।’ তা শুনে ঠাকুর বললেন, ‘দেখ, নরেন্দ্রের জন্য প্রাণের ভিতরটা যেন গামছা-নিংড়াবার মতো জোরে মোচড় দিচ্ছে; তাকে একবার দেখা করে যেতে বলো; সে শুদ্ধ সত্ত্বগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ; তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না।’ রামদয়ালবাবু কিছুকাল আগে থেকেই দক্ষিণেশ্বরে যাতায়াত করছিলেন, তাই ঠাকুরের বালকস্বভাবের কথা তাঁর অজানা ছিল না। তিনি ঠাকুরের এমন বালকের মতো আচরণ দেখে বুঝতে পারলেন, ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন, এবং রাত পোহালেই নরেন্দ্রের সঙ্গে দেখা করে তাঁকে আসতে বলবেন ইত্যাদি নানা কথা বলে ঠাকুরকে শান্ত করতে লাগলেন। কিন্তু সে রাতে ঠাকুরের সেই ভাব কিছুমাত্র প্রশমিত হল না। আমাদের বিশ্রাম হচ্ছে না বুঝে মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজের বিছানায় গিয়ে শুলেও, পরক্ষণেই সে কথা ভুলে আবার আমাদের কাছে এসে নরেন্দ্রের গুণের কথা, এবং তাকে না দেখে তাঁর প্রাণে যে দারুণ যন্ত্রণা হয়েছে, তা সকরুণভাবে ব্যক্ত করতে লাগলেন। তাঁর এমন কাতরতা দেখে বিস্মিত হয়ে আমি ভাবতে লাগলাম, এঁর কী অদ্ভুত ভালোবাসা, এবং যার জন্য ইনি এরকম করছেন সে মানুষটি কী কঠোর! সেই রাত আমাদের এভাবে কাটল। পরে রাত ভোর হলে আমরা মন্দিরে গিয়ে ৺জগদম্বাকে দর্শন করলাম, তারপর ঠাকুরের চরণে প্রণত হয়ে বিদায় নিয়ে কলিকাতায় ফিরে এলাম।”
নরেন্দ্রের প্রতি ঠাকুরের ভালোবাসা সম্বন্ধে বৈকুণ্ঠনাথের কথা
১৮৮৩ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে আমাদের একজন বন্ধু[4] দক্ষিণেশ্বরে গিয়ে দেখলেন, নরেন্দ্রনাথ অনেক দিন আসেননি বলে ঠাকুর বিশেষ উৎকণ্ঠিত হয়ে আছেন। তিনি বলেন, “সেদিন ঠাকুরের মন যেন নরেন্দ্রময় হয়ে রয়েছে, মুখে নরেন্দ্রের গুণানুবাদ ছাড়া অন্য কথা নেই! আমাকে সম্বোধন করে বললেন, ‘দেখ, নরেন্দ্র শুদ্ধসত্ত্বগুণী; আমি দেখেছি সে অখণ্ডের ঘরের চারজনের একজন এবং সপ্তর্ষির একজন; তার কত গুণ, তার ইয়ত্তা হয় না!’ —বলতে বলতে ঠাকুর নরেন্দ্রনাথকে দেখার জন্য একেবারে অস্থির হয়ে উঠলেন এবং পুত্রবিরহে কাতর মায়ের মতো অজস্র অশ্রু ফেলতে লাগলেন। পরে কিছুতেই নিজেকে সংযত করতে পারছেন না দেখে, এবং তাঁর এমন ব্যবহারে আমরা কী ভাবব মনে করে, ঘরের উত্তর দিকের বারান্দায় দ্রুত পায়ে চলে গেলেন, এবং ‘মাগো, আমি তাকে না দেখে আর থাকতে পারি না’, ইত্যাদি রুদ্ধস্বরে বলতে বলতে বিষম কান্না কাঁদছেন, শুনতে পেলাম। কিছুক্ষণ পরে নিজেকে কতকটা সংযত করে তিনি ঘরের ভিতরে আমাদের কাছে এসে বসে কাতর-করুণস্বরে বলতে লাগলেন, ‘এত কাঁদলাম, কিন্তু নরেন্দ্র তো এল না; তাকে একবার দেখবার জন্য প্রাণে বিষম যন্ত্রণা হচ্ছে, বুকের ভিতরটায় যেন মোচড় দিচ্ছে; কিন্তু আমার এই টানটা সে কিছু বুঝে না’—এভাবে বলতে বলতে আবার অস্থির হয়ে তিনি ঘরের বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার ঘরে ফিরে এসে বলতে লাগলেন, ‘বুড়ো মিনসে, তার জন্য এইরূপে অস্থির হয়েছি ও কাঁদচি দেখে লোকেই বা কী বলবে, বল দেখি? তোমরা আপনার লোক, তোমাদের কাছে লজ্জা হয় না, কিন্তু অপরে দেখে কী ভাববে, বল দেখি? কিন্তু কিছুতেই সামলাতে পাচ্ছি না!’ নরেন্দ্রের প্রতি ঠাকুরের ভালোবাসা দেখে আমরা অবাক হয়ে রইলাম এবং ভাবতে লাগলাম, নিশ্চয়ই নরেন্দ্র দেবতুল্য পুরুষ হবেন, নইলে তাঁর প্রতি ঠাকুরের এত টান কেন? পরে ঠাকুরকে শান্ত করার জন্য বলতে লাগলাম, ‘তাই তো মহাশয়, তার ভারি অন্যায়, তাকে না দেখে আপনার এত কষ্ট হয়—এ কথা জেনেও সে আসে না!’ এই ঘটনার কিছুকাল পরে অন্য একদিন ঠাকুর নরেন্দ্রের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। নরেন্দ্রের বিরহে ঠাকুরকে যেমন অধীর দেখেছি, তাঁর সঙ্গে মিলনে আবার তাঁকে তেমনই উল্লসিত হতে দেখেছি। আগে বলা ঘটনার কিছুকাল পরে ঠাকুরের জন্মতিথির দিন দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। ভক্তেরা সেদিন তাঁকে নতুন বস্ত্র, সচন্দন-পুষ্প-মাল্যাদি পরিয়ে মনোহর সাজে সাজিয়েছিল। তাঁর ঘরের পুবে, বাগানের দিকের বারান্দায় কীর্তন হচ্ছিল। ঠাকুর ভক্তপরিবৃত হয়ে তা শুনতে শুনতে কখনও কিছুক্ষণের জন্য ভাবাবিষ্ট হচ্ছিলেন, কখনও বা এক-একটি মধুর আখর দিয়ে কীর্তন জমিয়ে দিচ্ছিলেন; কিন্তু নরেন্দ্র না আসায় তাঁর আনন্দের ব্যাঘাত হচ্ছিল। মধ্যে মধ্যে চারদিকে চেয়ে দেখছিলেন এবং আমাদের বলছিলেন, ‘তাই তো, নরেন্দ্র এল না!’ বেলা প্রায় দুই প্রহর, এমন সময়ে নরেন্দ্র এসে সভার মধ্যে তাঁর পদপ্রান্তে প্রণত হলেন। তাঁকে দেখামাত্র ঠাকুর একেবারে লাফিয়ে উঠে তাঁর কাঁধে বসে গভীর ভাবাবিষ্ট হলেন। পরে সহজ অবস্থায় ফিরে এসে ঠাকুর নরেন্দ্রের সঙ্গে কথা বলতে ও তাঁকে খাওয়াতে ব্যস্ত হলেন। সেদিন তাঁর আর কীর্তন শোনা হল না।”
ঠাকুরের বিশেষ ভালোবাসার পাত্র হয়েও নরেন্দ্রের অচল থাকা তাঁর উচ্চাধিকারিত্বের পরিচয়
ঠাকুরের কাছে এসে শ্রীযুত নরেন্দ্র যে দেবদুর্লভ প্রেমের অধিকারী হয়েছিলেন, তা ভাবলে বিস্মিত হতে হয়। সেই প্রেমেও অবিচলিত থেকে তিনি যে যথার্থ সত্যলাভের আশায় ঠাকুরকে পরীক্ষা করে নিতে এগিয়েছিলেন, এতে বোঝা যায়, সত্যানুরাগ তাঁর ভিতরে কতটা প্রবল ছিল। অন্য দিকে, ঠাকুর যে নরেন্দ্রের এমন মনোভাবে ক্ষুণ্ণ না হয়ে শিষ্যের কল্যাণের জন্য পরীক্ষা দিয়ে তাঁকে আধ্যাত্মিক সব বিষয় উপলব্ধি করিয়ে দিতে পরম আহ্লাদে এগিয়ে এসেছিলেন, এ থেকে তাঁর নিরভিমানিত্ব এবং মহানুভবত্বের কথা অনুধাবন করলে বিস্ময়ের অবধি থাকে না। এভাবে নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের সম্বন্ধের কথা আমরা যতই আলোচনা করব, ততই এক দিকে পরীক্ষা করে নেওয়ার এবং অন্য দিকে পরীক্ষা দিয়ে উচ্চ আধ্যাত্মিক তত্ত্বগুলি উপলব্ধি করিয়ে দেওয়ার আগ্রহ দেখে মুগ্ধ হব, এবং বুঝতে পারব, যথার্থ গুরু উচ্চ অধিকারী ব্যক্তির ভাব রক্ষা করে কীভাবে শিক্ষা দান করতে অগ্রসর হন ও পরিণামে কীভাবে তার হৃদয়ে চিরকালের জন্য শ্রদ্ধা ও পূজার স্থান অধিকার করে বসেন।
[1] এই অদ্ভুত প্রত্যক্ষের কথা শ্রীযুত নরেন্দ্র তাঁর সঙ্গে পরিচিত হওয়ার কিছুকাল পরেই আমাদের বলেছিলেন, এবং শেষ জীবনে তিনি এ সম্বন্ধে এই কারণ দেখিয়েছিলেন।
[2] আমরা আগে বলেছি, দক্ষিণেশ্বরে আসার সময় শ্রীযুত নরেন্দ্র কলিকাতার জেনারেল এসেম্ব্লিস্ ইন্স্টিটিউশন নামের বিদ্যালয় থেকে এফ.এ. পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন। উদারচেতা সুপণ্ডিত হেস্টি সাহেব তখন সেই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। সাহেবের বহুমুখী প্রতিভা, পবিত্র জীবন এবং ছাত্রদের সঙ্গে সরল সপ্রেম আচরণের জন্য নরেন্দ্রনাথ তাঁকে বিশেষ ভক্তি-শ্রদ্ধা করতেন। সাহিত্যের অধ্যাপক সহসা অসুস্থ হয়ে পড়ায় হেস্টি সাহেব একদিন এফ.এ. ক্লাসের ছাত্রদের সাহিত্য পড়াতে শুরু করলেন, এবং ওয়ার্ডস্ওয়ার্থের কবিতাবলির আলোচনা-প্রসঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যানুভবে ওই কবির ভাবসমাধি হওয়ার কথা উল্লেখ করলেন। ছাত্রেরা সমাধির কথা বুঝতে না পারায় তিনি সেই অবস্থার কথা তাদের যথাবিধি বুঝিয়ে পরিশেষে বললেন, “চিত্তের পবিত্রতা ও কোনো বিশেষ বিষয়ে একাগ্রতা থেকে ওই অবস্থার উদয় হয়; তেমন অবস্থার অধিকারী ব্যক্তি কদাচিৎ দেখা যায় – একমাত্র দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেবের আজকাল ওইরকম অবস্থা হতে দেখেছি – তাঁর সেই অবস্থা একদিন দর্শন করে এলে তোমরা এ বিষয় হৃদয়ঙ্গম করতে পারবে।” এভাবে হেস্টি সাহেবের কাছ থেকে শ্রীযুত নরেন্দ্র ঠাকুরের কথা প্রথম শোনার পরে সুরেন্দ্রনাথের বাড়িতে তাঁর প্রথম দর্শনলাভ করেছিলেন। আবার ব্রাহ্মসমাজে আগে থেকে যাতায়াত থাকায় তিনি ঠাকুরের কথা সেখানেও শুনেছিলেন বলে বোধ হয়।
[3] শাস্ত্রে একে শাম্ভবী দীক্ষা বলা হয়েছে। শাম্ভবী দীক্ষার বিস্তারিত বিবরণের জন্য ‘গুরুভাব, উত্তরার্ধ – ৪র্থ অধ্যায়’ দ্রষ্টব্য।
[4] শ্রীযুত বৈকুণ্ঠনাথ সান্যাল।
নরেন্দ্র ঠাকুরের পূতসঙ্গ কতকাল লাভ করেছিলেন
দীর্ঘ পাঁচ বছর ধরে শ্রীযুত নরেন্দ্র ঠাকুরের পূতসঙ্গ লাভ করে ধন্য হয়েছিলেন। পাঠক হয়তো এ কথায় বুঝবেন যে, আমরা বলছি তিনি এই কয় বছর নিরন্তর দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রীপদপ্রান্তে কাটিয়েছিলেন। তা নয়। কলিকাতাবাসী অন্য সব ভক্তের মতো তিনিও সেই কয় বছর বাড়ি থেকেই ঠাকুরের কাছে যাতায়াত করতেন। তবে এ কথা নিশ্চিত যে, প্রথম থেকে ঠাকুরের অশেষ ভালোবাসার অধিকারী হয়েছিলেন বলে ওই কয় বছর তিনি ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন। প্রতি সপ্তাহে এক বা দুই দিন সেখানে যাওয়া এবং অবসর পেলেই দু-চার দিন বা ততোধিক সময় সেখানে থাকা নরেন্দ্রনাথের জীবনে ক্রমে একটা প্রধান কাজ হয়ে উঠেছিল। সময়ে সময়ে এই নিয়মের যে ব্যতিক্রম হয়নি, তা নয়। কিন্তু ঠাকুর প্রথম থেকে তাঁর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে তাঁকে সেই নিয়ম বড় একটা ভাঙতে দেননি। কোনো কারণে নরেন্দ্রনাথ এক সপ্তাহ দক্ষিণেশ্বরে আসতে না পারলে ঠাকুর তাঁকে দেখার জন্য একেবারে অধীর হয়ে উঠতেন এবং উপর্যুপরি সংবাদ পাঠিয়ে তাঁকে নিজের কাছে আনিয়ে নিতেন, অথবা নিজেই কলিকাতায় এসে তাঁর সঙ্গে কয়েক ঘণ্টা কাটিয়ে আসতেন। আমাদের যতদূর জানা আছে, ঠাকুরের সঙ্গে পরিচিত হওয়ার পরে প্রথম দুই বছর নরেন্দ্রের এভাবে নিয়মিত দক্ষিণেশ্বরে যাতায়াতের বড় একটা ব্যতিক্রম হয়নি। কিন্তু বি.এ. পরীক্ষা দেওয়ার পরে ১৮৮৪ খ্রিস্টাব্দের প্রথম ভাগে হঠাৎ পিতার মৃত্যু হওয়ায় সংসারের সমস্ত ভার যখন তাঁর কাঁধে এসে পড়ল, তখন নানা কারণে কিছুদিনের জন্য তিনি ওই নিয়ম ভাঙতে বাধ্য হয়েছিলেন।
নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের সেই সময়ের আচরণের পাঁচটি বিভাগ
সে যা হোক, ওই পাঁচ বছর ঠাকুর যেভাবে নরেন্দ্রনাথের সঙ্গে মেলামেশা করেছিলেন, তার আলোচনা করতে গেলে তাতে পাঁচটি প্রধান বিভাগ চোখে পড়ে –
১ম— দেখা যায়, ঠাকুর তাঁর অলৌকিক অন্তর্দৃষ্টির সাহায্যে প্রথম সাক্ষাৎ থেকেই বুঝতে পেরেছিলেন, নরেন্দ্রনাথের মতো উচ্চ অধিকারী আধ্যাত্মিক রাজ্যে বিরল, এবং বহুকালসঞ্চিত গ্লানি দূর করে সনাতনধর্মকে যুগপ্রয়োজন-সাধনের উপযোগী করে সংস্থাপন করার যে কাজে শ্রীশ্রীজগদম্বা তাঁকে নিযুক্ত করেছেন, তাতে বিশেষ সহায়তা করার জন্যই শ্রীযুত নরেন্দ্র জন্মপরিগ্রহ করেছেন।
২য়— অসীম বিশ্বাস ও ভালোবাসায় তিনি নরেন্দ্রনাথকে চিরকালের জন্য আবদ্ধ করেছিলেন।
৩য়— নানাভাবে পরীক্ষা করে তিনি বুঝে নিয়েছিলেন যে, তাঁর অন্তর্দৃষ্টি নরেন্দ্রনাথের মহত্ত্ব এবং জীবনোদ্দেশ্য সম্বন্ধে তাঁর কাছে মিথ্যা সাক্ষ্য দেয়নি।
৪র্থ— নানাভাবে শিক্ষা দিয়ে তিনি নরেন্দ্রনাথকে সেই সুমহান জীবনোদ্দেশ্য-সাধনের উপযোগী যন্ত্ররূপে গড়ে তুলেছিলেন।
৫ম— শিক্ষা সম্পূর্ণ হলে তিনি অপরোক্ষ-বিজ্ঞান-সম্পন্ন নরেন্দ্রনাথকে ধর্মসংস্থাপনের কাজে কীভাবে অগ্রসর হতে হবে, সে বিষয়ে উপদেশ দিয়ে অবশেষে সেই কাজের এবং নিজের সংঘের ভার নিশ্চিন্তমনে তাঁর হাতে অর্পণ করেছিলেন।
অদ্ভুত দর্শন থেকে নরেন্দ্রের উপর ঠাকুরের বিশ্বাস ও ভালোবাসা
আমরা ইতিপূর্বে বলেছি, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসার অল্প কিছুদিন আগে তাঁর মহত্ত্ব-পরিচায়ক কয়েকটি অদ্ভুত দর্শন ঠাকুরের অন্তর্দৃষ্টির সামনে প্রতিভাত হয়েছিল। সেই দর্শনগুলির প্রভাবেই তিনি প্রথম থেকে নরেন্দ্রকে অসীম বিশ্বাস ও ভালোবাসার চোখে দেখতেন। সেই বিশ্বাস ও ভালোবাসা আজীবন তাঁর হৃদয়ে সমভাবে প্রবাহিত ছিল এবং নরেন্দ্রনাথকে তাঁর প্রেমে আবদ্ধ করে ফেলেছিল। অতএব বোঝা যাচ্ছে, সর্বদা বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে দাঁড়িয়ে থেকেই ঠাকুর নরেন্দ্রকে শিক্ষা দিতে ও সময়ে সময়ে পরীক্ষা করতে অগ্রসর হয়েছিলেন।
নরেন্দ্রকে পরীক্ষা করার কারণ
প্রশ্ন উঠতে পারে, যোগদৃষ্টির সাহায্যে নরেন্দ্রনাথের মহত্ত্ব এবং জীবনোদ্দেশ্য জানতে পেরেও ঠাকুর তাঁকে পরীক্ষা করেছিলেন কেন? উত্তরে বলা যেতে পারে, মায়ার অধিকারে প্রবেশ করে দেহধারণ করলে সাধারণ মানুষের তো কথাই নেই—ঠাকুরের মতো দেব-মানবদেরও দৃষ্টি অল্পবিস্তর পরিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দৃষ্ট বিষয়ে ভ্রমের সম্ভাবনা দেখা দেয়। সেজন্যই কখনও কখনও এমন পরীক্ষা আবশ্যক হয়। ঠাকুর আমাদের এ কথা বোঝাতে গিয়ে বলতেন, “খাদ না থাকলে গড়ন হয় না”, অথবা বিশুদ্ধ সোনার সঙ্গে অন্য ধাতু না মেশালে যেমন তা দিয়ে অলংকার গড়া চলে না, তেমনই জ্ঞানপ্রকাশক শুদ্ধ সত্ত্বগুণের সঙ্গে রজঃ ও তমোগুণ একটুও না মিশলে তা থেকে অবতার-পুরুষদের মতো দেহ-মনও উৎপন্ন হতে পারে না। ঠাকুরের সাধনকালের আলোচনা করতে গিয়ে আমরা ইতিপূর্বে দেখেছি, শ্রীশ্রীজগদম্বার কৃপায় অদ্ভুত জ্ঞানপ্রকাশ হয়ে অলৌকিক দর্শনসমূহ তাঁর জীবনে দেখা দিলেও, তিনি কতবার সেইসব দর্শন সম্বন্ধে সন্দিহান হয়ে আবার পরীক্ষা করে তবে সেগুলিকে নিশ্চিন্তমনে গ্রহণ করতে পেরেছিলেন। অতএব নরেন্দ্রনাথ সম্বন্ধেও তাঁর যে-সব অদ্ভুত দর্শন এই সময়ে হয়েছিল, সেগুলিকেও তিনি যে পরীক্ষা করে গ্রহণ করবেন, এতে বিচিত্র কী আছে?
ঠাকুর নরেন্দ্রকে যেভাবে দেখতেন
নরেন্দ্রনাথের প্রতি ঠাকুরের আচরণের পাঁচটি বিভিন্ন বিভাগ ওইভাবে নির্দিষ্ট হলেও, সেগুলির মধ্যে বিশ্বাস ও ভালোবাসা, পরীক্ষা এবং শিক্ষাপ্রদান—এই তিনটি বিভাগের কাজ যে প্রায় যুগপৎ শুরু হয়েছিল, এ কথা স্বীকার করতে হয়। এই তিন বিভাগের মধ্যে প্রথম বিভাগের কাজের, অথবা নরেন্দ্রনাথের প্রতি ঠাকুরের অসীম বিশ্বাস ও ভালোবাসার পরিচয় আমরা ইতিপূর্বে পাঠককে সংক্ষেপে দিয়েছি। এ বিষয়ের আরও অনেক কথা আমাদের পরে বলতে হবে। কারণ, এই সময় থেকে ঠাকুরের জীবন নরেন্দ্রনাথের জীবনের সঙ্গে যেমন বিশেষভাবে জড়িয়ে গিয়েছিল, তাঁর শ্রীচরণাশ্রিত অন্য কোনো ভক্তের জীবনের সঙ্গে তা এর আগে আর কখনও তেমনভাবে মিলিত হয়নি। কথিত আছে, ভগবান ঈশা তাঁর এক শিষ্যপ্রবরের সঙ্গে মিলিত হওয়ামাত্র বলেছিলেন, “পর্বতসদৃশ অচল অটল শ্রদ্ধাসম্পন্ন এই পুরুষের জীবনকে ভিত্তিরূপে অবলম্বন করে আমি আমার আধ্যাত্মিক মন্দির গড়ে তুলব!” নরেন্দ্রনাথের সঙ্গে মিলিত হয়ে ঠাকুরের মনেও দৈবপ্রেরণায় প্রথম থেকেই এমন ভাবের উদয় হয়েছিল। ঠাকুর দেখেছিলেন, নরেন্দ্র তাঁর বালক, তাঁর সখা, তাঁর আদেশ পালন করতেই সংসারে জন্মগ্রহণ করেছে, এবং তাঁর ও তার জীবন আগে থেকেই চিরকালের জন্য প্রণয়িযুগলের মতো অবিচ্ছিন্ন প্রেমবন্ধনে সম্বদ্ধ হয়ে রয়েছে! —তবে, সেই প্রেম উচ্চ আধ্যাত্মিক প্রেম—যা প্রেমাস্পদকে সর্বপ্রকার স্বাধীনতা দিয়েও যুগে যুগে নিজের করে রাখে, যাতে নিজের জন্য কিছু না চেয়ে দুজনে কেবলমাত্র পরস্পরকে যথাসর্বস্ব দান করেই পরিতৃপ্তি লাভ করে। বাস্তবিক ঠাকুর ও নরেন্দ্রনাথের মধ্যে আমরা অহেতুক প্রেমের যেমন লীলা দেখেছি, সংসার এর আগে আর কখনও তেমন দেখেছে কি না সন্দেহ। সেই অলৌকিক প্রেমলীলার কথা পাঠককে যথাযথভাবে বোঝানোর সামর্থ্য আমাদের কোথায়? তবু সত্যের অনুরোধে তার আভাস দেওয়ার চেষ্টামাত্র করে আমরা নরেন্দ্রনাথের সঙ্গে ঠাকুরের সর্বপ্রকার আচরণের আলোচনা শুরু করছি।
নরেন্দ্রের সম্বন্ধে সাধারণের ভ্রমধারণা
ঠাকুরের একনিষ্ঠা, ত্যাগ এবং পবিত্রতা দেখে নরেন্দ্রনাথ যেমন প্রথম দিন থেকে তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, ঠাকুরও বোধ হয় তেমনি যুবক নরেন্দ্রের অসীম আত্মবিশ্বাস, তেজস্বিতা এবং সত্যপ্রিয়তা দেখে মুগ্ধ হয়ে প্রথম দর্শন থেকে তাঁকে নিজের করে নিয়েছিলেন। যোগদৃষ্টির সাহায্যে নরেন্দ্রনাথের মহত্ত্ব ও উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে ঠাকুর যা দর্শন করেছিলেন, তা গণনায় না এনে যদি আমরা এই পুরুষপ্রবরদের পরস্পরের প্রতি অদ্ভুত আকর্ষণের কারণ খুঁজতে যাই, তা হলে সেই কথাই প্রতীয়মান হয়। অন্তর্দৃষ্টিশূন্য জনসাধারণ শ্রীযুত নরেন্দ্রের অদ্ভুত আত্মবিশ্বাসকে দম্ভ বলে, অসীম তেজস্বিতাকে ঔদ্ধত্য বলে এবং কঠোর সত্যপ্রিয়তাকে মিথ্যা ভান অথবা অপরিণত বুদ্ধির নিদর্শন বলে ধারণা করেছিল। লোকের প্রশংসায় তাঁর একান্ত উদাসীনতা, স্পষ্টবাদিতা, সর্ববিষয়ে নিঃসংকোচ স্বাধীন ব্যবহার এবং সর্বোপরি কোনো কাজ কারও ভয়ে গোপন না করা থেকেই তারা যে এমন মীমাংসায় পৌঁছেছিল, এ কথা নিঃসন্দেহ। আমাদের মনে আছে, শ্রীযুত নরেন্দ্রের সঙ্গে পরিচিত হওয়ার আগে তাঁর একজন প্রতিবেশী তাঁর কথা উল্লেখ করে একদিন আমাদের বলেছিলেন, “এই বাটীতে একটা ছেলে আছে, তার মতো ত্রিপণ্ড ছেলে কখনও দেখিনি; বি.এ. পাশ করেছে বলে যেন ধরাকে সরা দেখে, বাপ-খুড়োর সামনেই তবলায় চাঁটি দিয়ে গান ধরলে, পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে দিয়েই চুরুট খেতে খেতে চলল—এইরকম সকল বিষয়ে!”
ঠাকুরের কাছে গ্রন্থকারের নরেন্দ্রের প্রশংসা-শ্রবণ
এর অল্পদিন পরে একদিন ঠাকুরের শ্রীপদপ্রান্তে গিয়ে—বোধ হয় সেদিন আমরা দ্বিতীয় বা তৃতীয়বার দক্ষিণেশ্বরে এসে তাঁর পুণ্য দর্শন লাভ করে ধন্য হয়েছিলাম—আমরা নরেন্দ্রনাথের গুণানুবাদ এভাবে শুনতে পেয়েছিলাম—যদুলাল মল্লিকের বাগানবাড়ির প্রধান কর্মচারী রতনের সঙ্গে কথা বলতে বলতে আমাদের দেখিয়ে ঠাকুর বলেছিলেন, “এরা সব ছেলে মন্দ নয়, দেড়টা পাস করেছে (এফ.এ. পাস দেওয়ার জন্য সেই বছর আমরা প্রস্তুত হচ্ছিলাম), শিষ্ট, শান্ত; কিন্তু নরেন্দ্রের মতো একটি ছেলেও আর দেখতে পেলাম না! —যেমন গাইতে-বাজাতে, তেমনি লেখাপড়ায়, তেমনি বলতে-কইতে, আবার তেমনি ধর্মবিষয়ে! সে রাত-ভোর ধ্যান করে, ধ্যান করতে করতে সকাল হয়ে যায়, হুঁশ থাকে না! —আমার নরেন্দ্রের ভিতর এতটুকু মেকি নাই, বাজিয়ে দেখ—টং টং করছে। আর সব ছেলেদের দেখি, যেন চোক-কান টিপে কোন রকমে দু-তিনটে পাস করেছে, ব্যস, এই পর্যন্ত—ঐ করতেই যেন তাদের সমস্ত শক্তি বেরিয়ে গেছে। নরেন্দ্রের কিন্তু তা নয়, হেসে-খেলে সব কাজ করে, পাস করাটা যেন তার কাছে কিছুই নয়! সে ব্রাহ্মসমাজেও যায়, সেখানে ভজন গায়, কিন্তু অন্য সকল ব্রাহ্মের ন্যায় নয়—সে যথার্থ ব্রহ্মজ্ঞানী। ধ্যান করতে বসে তার জ্যোতিঃদর্শন হয়। সাধে নরেন্দ্রকে এত ভালবাসি?” এমন কথা শুনে মুগ্ধ হয়ে নরেন্দ্রনাথের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছায় আমরা তাঁকে জিজ্ঞাসা করলাম, “মহাশয়, নরেন্দ্র কোথায় থাকে?” তার উত্তরে ঠাকুর বললেন, “নরেন্দ্র বিশ্বনাথ দত্তের পুত্র, বাড়ি সিমলায়।” পরে কলিকাতায় ফিরে খোঁজ করে জানলাম, আমরা আগে প্রতিবেশীর কাছ থেকে যার সম্বন্ধে ওই নিন্দাবাদ শুনেছিলাম, সেই যুবকই ঠাকুরের বহুপ্রশংসিত নরেন্দ্রনাথ! বিস্মিত হয়ে আমরা সেদিন ভেবেছিলাম, শুধু বাইরের কতকগুলি কাজ ধরেই আমরা সময়ে সময়ে অন্যের সম্বন্ধে কতটা অন্যায় সিদ্ধান্ত করে বসি!
প্রথম দর্শনের দিনে নরেন্দ্রের সম্বন্ধে গ্রন্থকারের ভ্রমধারণা
এই প্রসঙ্গে আর একটি কথা এখানে বললে মন্দ হবে না। ঠাকুরের শ্রীমুখে নরেন্দ্রনাথের এমন গুণানুবাদ শোনার কয়েক মাস আগে একদিন এক বন্ধুর বাড়িতে শ্রীযুত নরেন্দ্রের দর্শনলাভ আমাদের ভাগ্যে ঘটেছিল। সেদিন তাঁকে দেখেছিলাম মাত্র, ভ্রমধারণার বশে তাঁর সঙ্গে আলাপ করতে এগোইনি। কিন্তু তাঁর সেদিনকার কথাগুলি এমন গভীরভাবে আমাদের স্মৃতিতে মুদ্রিত হয়ে গেছে যে, এতকাল পরেও মনে হয় যেন সেগুলি কাল শুনেছি। কথাগুলি বলার আগে, যে অবস্থায় আমরা সেগুলি শুনেছিলাম, সে বিষয়ে পাঠককে কিছু আভাস দেওয়া কর্তব্য; নইলে শ্রীযুত নরেন্দ্রের সম্বন্ধে সেদিন আমাদের কেন ভ্রমধারণা জন্মেছিল, সে কথা বোঝা যাবে না।
এক বন্ধুর বাড়িতে নরেন্দ্রকে প্রথম দেখা
যে বন্ধুর বাড়িতে আমরা সেদিন শ্রীযুত নরেন্দ্রকে দেখেছিলাম, তিনি তখন কলিকাতার সিমলাপল্লির গৌরমোহন মুখার্জী লেনে নরেন্দ্রের বাসভবনের ঠিক সামনেই একটি দোতলা বাড়ি ভাড়া নিয়েছিলেন। স্কুলে পড়ার সময় আমরা চার-পাঁচ বছর সহপাঠী ছিলাম। প্রবেশিকা পরীক্ষা দেওয়ার দুই বছর আগে তিনি বিলাত যাবেন বলে বোম্বাই পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু নানা কারণে সমুদ্রপারে যেতে না পেরে একখানি সংবাদপত্রের সম্পাদক হয়েছিলেন এবং মধ্যে মধ্যে বাংলায় প্রবন্ধ ও কবিতা লিখে বই প্রণয়ন করছিলেন। কিছুদিন আগে তিনি বিয়ে করেছিলেন এবং তার পরে নানা লোকের মুখে শুনতে পেয়েছিলাম, তাঁর স্বভাব উচ্ছৃঙ্খল হয়েছে এবং নানা অসদুপায়ে অর্থোপার্জন করতে তিনি কুণ্ঠিত হচ্ছেন না। কথাটা সত্য না মিথ্যা, তা নির্ধারণ করার জন্যই আমরা সেদিন হঠাৎ তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলাম।
সেই সময়ে নরেন্দ্রের বাহ্যিক আচরণ
ভৃত্যের হাতে খবর পাঠিয়ে আমরা বাইরের ঘরে বসে আছি, এমন সময়ে একজন যুবক হঠাৎ সেই ঘরে ঢুকলেন এবং গৃহস্বামীর পরিচিতের মতো নিঃসংকোচে কাছের একটি তাকিয়ায় আধশোয়া হয়ে একটি হিন্দি গানের একাংশ গুনগুন করে গাইতে লাগলেন। যতদূর মনে আছে, গানটি শ্রীকৃষ্ণবিষয়ক, কারণ, ‘কানাই’ ও ‘বাঁশরী’ এই দুটি শব্দ কানে স্পষ্ট এসেছিল। যুবকের শৌখিন না হলেও পরিষ্কার পরিচ্ছদ, চুলের পারিপাট্য এবং উন্মনা দৃষ্টির সঙ্গে ‘কালার বাঁশরী’র গান আর আমাদের উচ্ছৃঙ্খল বন্ধুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা মিলিয়ে নিয়ে আমরা তাঁকে বিশেষ সুনজরে দেখতে পারলাম না। ঘরের মধ্যে আমরা যে বসে আছি, সেদিকে কিছুমাত্র ভ্রূক্ষেপ না করে তিনি ওইরকম নিঃসংকোচ ব্যবহার করছেন এবং পরে তামাক খাচ্ছেন দেখে আমরা ধারণা করে বসলাম, ইনি আমাদের উচ্ছৃঙ্খল বন্ধুর একজন বিশ্বস্ত অনুচর এবং এমন লোকের সঙ্গে মিশেই তাঁর অধঃপতন হয়েছে। সে যা হোক, ঘরের মধ্যে আমাদের অস্তিত্ব দেখেও তিনি তেমনই বিষম উদাসীন হয়ে আপন ভাবে রইলেন বলে আমরাও তাঁর সঙ্গে পরিচয় করতে এগোলাম না।
বন্ধুর সঙ্গে নরেন্দ্রের সাহিত্য-সম্বন্ধীয় আলাপ
কিছুক্ষণ পরে আমাদের বাল্যবন্ধু বাইরে এলেন এবং বহুকাল পরে পরস্পরের দেখা হলেও, আমাদের দু-একটি কথামাত্র জিজ্ঞাসা করেই ওই যুবকের সঙ্গে সানন্দে নানা বিষয়ে আলাপ শুরু করলেন। তাঁর এমন উদাসীনতা ভালো লাগল না। তবু হঠাৎ বিদায়গ্রহণ করাটা ভদ্রোচিত নয় ভেবে, সাহিত্যসেবী বন্ধু যুবকের সঙ্গে ইংরেজি ও বঙ্গ সাহিত্য সম্বন্ধে যে কথাবার্তা চালাচ্ছিলেন, আমরা তা শুনতে লাগলাম। উচ্চাঙ্গের সাহিত্য যথাযথ ভাবপ্রকাশক হবে, এ বিষয়ে দুজনে অনেকাংশে একমত হয়ে কথা আরম্ভ করলেও, মানবজীবনের যে-কোনো প্রকার ভাবপ্রকাশক রচনাকেই সাহিত্য বলা উচিত কি না, তা নিয়ে তাঁদের মতভেদ দেখা দিল। যতদূর মনে আছে, সকল প্রকার ভাবপ্রকাশক রচনাকেই সাহিত্যশ্রেণিভুক্ত করার পক্ষ আমাদের বন্ধু নিলেন, এবং যুবক সেই পক্ষ খণ্ডন করে তাঁকে বোঝাতে চেষ্টা করলেন যে, সু বা কু যে-কোনো প্রকার ভাব যথাযথ প্রকাশ করলেও কোনো রচনা যদি সুরুচিসম্পন্ন এবং কোনো প্রকার উচ্চাদর্শের প্রতিষ্ঠাপক না হয়, তা হলে তাকে কখনই উচ্চাঙ্গের সাহিত্যশ্রেণির মধ্যে গণ্য করা যেতে পারে না। নিজের পক্ষ সমর্থনের জন্য যুবক তখন ‘চসর’ (Chaucer) থেকে আরম্ভ করে যত খ্যাতনামা ইংরেজি ও বাংলা সাহিত্যিকের বইয়ের উল্লেখ করে একে একে দেখাতে লাগলেন, তাঁরা সকলেই তেমন করেই সাহিত্যজগতে অমরত্ব লাভ করেছেন। উপসংহারে যুবক বললেন, “সু এবং কু সকল প্রকার ভাব উপলব্ধি করলেও, মানুষ তার অন্তরের কোনো বিশেষ আদর্শকে প্রকাশ করতেই সর্বদা সচেষ্ট রয়েছে। সেই বিশেষ আদর্শের উপলব্ধি ও প্রকাশ নিয়েই মানুষের ভিতর যত তারতম্য রয়েছে। দেখা যায়, সাধারণ মানুষ রূপরসাদি ভোগকে নিত্য ও সত্য ভেবে তা লাভ করাকেই সর্বদা জীবনোদ্দেশ্য করে নিশ্চিন্ত হয়ে বসে আছে—They idealise what is apparently real. পশুদের সঙ্গে তাদের প্রভেদ সামান্যই। তাদের হাতে উচ্চাঙ্গের সাহিত্য সৃষ্টি কখনই হতে পারে না। আর এক শ্রেণির মানুষ আছে, যারা আপাতনিত্য ভোগসুখাদি লাভে সন্তুষ্ট থাকতে না পেরে উচ্চ, উচ্চতর আদর্শ অন্তরে অনুভব করে বাইরের সব বিষয় সেই ছাঁচে গড়ার চেষ্টায় ব্যস্ত হয়ে রয়েছে—They want to realise the ideal.—এমন মানুষই যথার্থ সাহিত্যের সৃষ্টি করে। তাদের মধ্যে আবার যারা সর্বোচ্চ আদর্শ অবলম্বন করে তা জীবনে পরিণত করতে ছোটে, তাদের প্রায়ই সংসারের বাইরে গিয়ে দাঁড়াতে হয়। এমন আদর্শ জীবনে পূর্ণভাবে পরিণত করতে কেবলমাত্র দক্ষিণেশ্বরের পরমহংসদেবকেই দেখেছি—সেজন্যই তাঁকে শ্রদ্ধা করি।”
তার পরে ঠাকুরের কাছে নরেন্দ্রের মহত্ত্বের পরিচয়লাভ
যুবকের ওইরকম গভীর ভাবপূর্ণ কথা এবং পাণ্ডিত্যে সেদিন চমৎকৃত হলেও, আমাদের বন্ধুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্বন্ধ দেখে, তাঁর কথায় ও কাজে মিল নেই ভেবে আমরা ক্ষুণ্ণ হলাম। তারপর বিদায় নিয়ে আমরা সেখান থেকে চলে এলাম। সেই ঘটনার কয়েক মাস পরে আমরা ঠাকুরের কাছে শ্রীযুত নরেন্দ্রের গুণানুবাদ শুনে মুগ্ধ হয়ে তাঁর সঙ্গে পরিচিত হওয়ার জন্য তাঁর বাড়িতে গিয়েছিলাম এবং আগে দেখা যুবককেই ঠাকুরের বহুপ্রশংসিত নরেন্দ্রনাথ বলে জানতে পেরে বিস্ময়সাগরে নিমগ্ন হয়েছিলাম।
প্রথম দেখা থেকে ঠাকুরের নরেন্দ্রকে বুঝতে পারা
গতানুগতিক স্বভাবের সাধারণ মানুষ এভাবে নরেন্দ্রনাথের বাহ্য আচরণ দেখে তাঁকে দাম্ভিক, উদ্ধত এবং অনাচারী প্রভৃতি বলে অনেক সময় ধারণা করে বসলেও ঠাকুর কিন্তু তাঁর সম্বন্ধে কখনও এমন ভ্রমে পড়েননি। প্রথম দর্শনের সময় থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, নরেন্দ্রের দম্ভ ও ঔদ্ধত্য তাঁর অন্তর্নিহিত অসাধারণ মানসিক শক্তিসমূহের ফলস্বরূপ বিশাল আত্মবিশ্বাস থেকে উৎপন্ন হয়, তাঁর নিরঙ্কুশ স্বাধীন আচরণ তাঁর স্বাভাবিক আত্মসংযমের পরিচায়ক ছাড়া অন্য কিছু নয়, লোকমান্যে তাঁর উদাসীনতা তাঁর পূত স্বভাবের আত্মপ্রসাদ থেকেই জেগে ওঠে। তিনি বুঝেছিলেন, কালক্রমে নরেন্দ্রের অসাধারণ স্বভাব সহস্রদল কমলের মতো পূর্ণবিকশিত হয়ে নিজ অনুপম গৌরব ও মহিমায় প্রতিষ্ঠিত হবে। তখন তাপদগ্ধ সংসারের সংঘর্ষে এসে তাঁর ওই দম্ভ ও ঔদ্ধত্য অসীম করুণায় পরিণত হবে, তাঁর অদৃষ্টপূর্ব আত্মবিশ্বাস হতাশ প্রাণে বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করবে, তাঁর স্বাধীন আচরণ সর্বদা সংযমরূপ সীমার ভিতরে অবস্থান করে অন্যকে দেখিয়ে দেবে যে, যথার্থ স্বাধীনতা লাভের সেটিই একমাত্র পথ।
উচ্চ আধার বুঝে নরেন্দ্রকে প্রকাশ্যে প্রশংসা
সেইজন্যই দেখা যায়, প্রথম পরিচয়ের দিন থেকেই ঠাকুর সকলের কাছে শতমুখে নরেন্দ্রের প্রশংসা করছেন! প্রকাশ্যে সর্বদা প্রশংসা পেলে দুর্বল মনে অহংকার বেড়ে উঠে তাকে বিনাশের পথে এগিয়ে দেয়, এ কথা বিশেষভাবে জেনেও যে তিনি নরেন্দ্রনাথের বেলায় সেই নিয়মের ব্যতিক্রম করেছিলেন, তার কারণ—তিনি নিশ্চিতভাবে বুঝেছিলেন, নরেন্দ্রের হৃদয়-মন এমন দুর্বলতা থেকে অনেক ঊর্ধ্বে অবস্থান করছে। এ বিষয়ের কয়েকটি দৃষ্টান্ত এখানে দিলেই পাঠক কথাটা বুঝতে পারবেন –
নরেন্দ্রের অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে ঠাকুরের কথা
মহামনস্বী শ্রীযুত কেশবচন্দ্র সেন, শ্রীযুত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতি লব্ধপ্রতিষ্ঠ ব্রাহ্মনেতারা একদিন ঠাকুরের সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে বসে আছেন। যুবক নরেন্দ্রও সেখানে বসে আছেন। ঠাকুর ভাবমুখে অবস্থিত হয়ে প্রসন্নমনে কেশব ও বিজয়ের দিকে চেয়ে দেখতে লাগলেন। পরে নরেন্দ্রনাথের দিকে দৃষ্টি পড়ামাত্র তার ভাবী জীবনের উজ্জ্বল চিত্র সহসা তাঁর মানসপটে অঙ্কিত হয়ে উঠল এবং সেই চিত্রের সঙ্গে কেশব-প্রমুখ ব্যক্তিদের পরিণত জীবনের তুলনা করে তিনি পরম স্নেহে নরেন্দ্রনাথকে নিরীক্ষণ করতে লাগলেন। পরে সভা ভাঙলে বললেন, “দেখলাম, কেশব যেমন একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগদ্বিখ্যাত হয়েছে, নরেন্দ্রের ভিতর তেমন আঠারোটা শক্তি পূর্ণমাত্রায় বিদ্যমান! আবার দেখলাম, কেশব ও বিজয়ের অন্তর দীপশিখার মতো জ্ঞানালোকে উজ্জ্বল হয়ে রয়েছে; পরে নরেন্দ্রের দিকে চেয়ে দেখি, তার ভিতরের জ্ঞান-সূর্য উদিত হয়ে মায়া-মোহের লেশ পর্যন্ত সেখান থেকে দূরীভূত করেছে!” অন্তর্দৃষ্টিশূন্য দুর্বলচেতা মানুষ ঠাকুরের শ্রীমুখ থেকে এমন প্রশংসা পেলে অহংকারে স্ফীত হয়ে আত্মহারা হয়ে পড়ত। নরেন্দ্রের মনে কিন্তু এতে সম্পূর্ণ বিপরীত ফল হল। তাঁর অলৌকিক অন্তর্দৃষ্টিসম্পন্ন মন এ কথায় নিজের ভিতরে ডুবে গিয়ে, শ্রীযুত কেশব ও বিজয়ের অশেষ গুণরাজির সঙ্গে তখনকার নিজের মানসিক অবস্থার নিরপেক্ষ তুলনা করতে লাগল, এবং নিজেকে এমন প্রশংসা পাওয়ার অযোগ্য দেখে তিনি ঠাকুরের কথার তীব্র প্রতিবাদ করে বলে উঠলেন—“মহাশয়, করেন কী? লোকে আপনার এমন কথা শুনে আপনাকে উন্মাদ বলে স্থির করবে। কোথায় জগদ্বিখ্যাত কেশব ও মহামনা বিজয়, আর কোথায় আমার মতো একটা নগণ্য স্কুলের ছোঁড়া! —আপনি তাঁদের সঙ্গে আমার তুলনা করে আর কখনও অমন কথা বলবেন না।” ঠাকুর তা শুনে তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে বললেন, “কী করব রে, তুই কি ভাবিস আমি ওরকম বলেছি, মা (শ্রীশ্রীজগদম্বা) আমাকে ওরকম দেখালেন, তাই বলেছি; মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনও দেখাননি, তাই বলেছি।”
নরেন্দ্রের ওই কথার প্রতিবাদ
‘মা দেখিয়েছেন ও বলিয়েছেন’ বললেই ঠাকুর সেরকম ক্ষেত্রে নরেন্দ্রের হাতে সর্বদা নিষ্কৃতি পেতেন, তা নয়। তাঁর এমন সব দর্শনের সত্যতা সম্বন্ধে সন্দিগ্ধ হয়ে স্পষ্টবাদী নির্ভীক নরেন্দ্র অনেক সময়ে বলে বসতেন, “মা দেখান, না আপনার মাথার খেয়ালে ওসব আসে, তা কে বলতে পারে? আমার অমন হলে আমি নিশ্চয়ই বুঝতাম, আমার মাথার খেয়ালে ওরকম দেখতে পাচ্ছি। পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শন এ কথা নিঃসন্দেহে প্রমাণ করেছে যে, চোখ-কান প্রভৃতি ইন্দ্রিয় অনেক ক্ষেত্রে আমাদের প্রতারিত করে। তার উপর কোনো বিশেষ বিষয় দেখার বাসনা যদি আমাদের মনে সতত জেগে থাকে, তা হলে তো কথাই নেই, তারা (ইন্দ্রিয়গ্রাম) পদে পদে আমাদের প্রতারিত করে। আপনি আমাকে স্নেহ করেন এবং সব বিষয়ে আমাকে বড় দেখতে ইচ্ছা করেন—সেইজন্য হয়তো আপনার এরকম সব দর্শন আসে।”
নরেন্দ্রের তর্কশক্তিতে বিমূঢ় হয়ে ঠাকুরের জগন্মাতাকে জিজ্ঞাসা
এই বলে শ্রীযুত নরেন্দ্র, পাশ্চাত্য শারীর-বিজ্ঞানে স্বসংবেদ্য দর্শনসমূহ সম্বন্ধে যে-সব অনুসন্ধান ও গবেষণা আছে এবং যেভাবে সেগুলিকে ভ্রমসংকুল বলে প্রমাণ করা হয়েছে, সেসব বিষয় নানা দৃষ্টান্তের সাহায্যে সময়ে সময়ে ঠাকুরকে বোঝাতে চেষ্টা করতেন। ঠাকুরের মন যখন উচ্চ ভাবভূমিতে অবস্থান করত, তখন নরেন্দ্রের এমন বালসুলভ চেষ্টাকে সত্যনিষ্ঠার পরিচায়কমাত্র ভেবে তিনি তার উপর আরও প্রসন্ন হতেন। কিন্তু মন যখন সাধারণ ভাবভূমিতে অবস্থান করত, তখন নরেন্দ্রের তীক্ষ্ণ যুক্তিগুলি ঠাকুরের বালকস্বভাব সরল মনকে অভিভূত করে কখনও কখনও বিষম ভাবিয়ে তুলত। তখন বিমূঢ় হয়ে তিনি ভাবতেন, ‘তাই তো, কায়মনোবাক্যে সত্যপরায়ণ নরেন্দ্র তো মিথ্যা বলার লোক নয়; তার মতো দৃঢ় সত্যনিষ্ঠ ব্যক্তিদের মনে সত্য ছাড়া মিথ্যা সংকল্পের উদয় হয় না, এ কথা শাস্ত্রেও আছে; তবে কি আমার দর্শনগুলিতে ভ্রমের সম্ভাবনা আছে?’ আবার ভাবতেন, ‘কিন্তু আমি তো আগে নানাভাবে পরীক্ষা করে দেখেছি, মা (শ্রীশ্রীজগদম্বা) আমাকে সত্য ছাড়া মিথ্যা কখনও দেখাননি এবং তাঁর শ্রীমুখ থেকে বারবার আশ্বাসও পেয়েছি, তবে সত্যপ্রাণ নরেন্দ্র আমার দর্শনগুলি মাথার খেয়ালে আসে, এ কথা বলে কেন? —কেন তার মন বলামাত্র সেগুলিকে সত্য বলে উপলব্ধি করে না?’
এমন ভাবনায় পড়ে মীমাংসার জন্য ঠাকুর অবশেষে শ্রীশ্রীজগদম্বাকে সে কথা জিজ্ঞাসা করতেন এবং “ওর (নরেন্দ্রের) কথা শুনিস কেন? কিছুদিন পরে ও (নরেন্দ্র) সব কথা সত্য বলে মানবে”—তাঁর শ্রীমুখ থেকে এমন আশ্বাস-বাণী শুনে তবে নিশ্চিন্ত হতে পারতেন। দৃষ্টান্তস্বরূপ এখানে একদিনের ঘটনার কথা বললেই পাঠক উপরের কথাটি হৃদয়ঙ্গম করবেন।
এ বিষয়ের দৃষ্টান্ত—সাধারণ সমাজে ঠাকুরের নরেন্দ্রকে দেখতে আসা
তখন কুচবিহার-বিবাহে মতভেদ নিয়ে ব্রাহ্মরা দুই দলে বিভক্ত হয়েছেন এবং কয়েক বছর আগেই সাধারণ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠা হয়ে গেছে। নরেন্দ্রনাথ সময়ে সময়ে শ্রীযুত কেশবের কাছে যাতায়াত করলেও সাধারণ সমাজেই নিয়মিত যোগ দিয়ে রবিবারের উপাসনার সময় সেখানে ভজন করছেন। কোনো কারণে নরেন্দ্র এই সময়ে দু-এক সপ্তাহ দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যেতে পারেননি। ঠাকুর প্রতিদিন তাঁর আসার প্রতীক্ষা করে নিরাশ হয়ে স্থির করলেন, নিজেই কলিকাতায় গিয়ে আজ নরেন্দ্রকে দেখে আসবেন। পরে মনে পড়ল, সেদিন রবিবার—নরেন্দ্র যদি কারও সঙ্গে দেখা করতে কোথাও যায় এবং কলিকাতায় গিয়েও তার দেখা না পাই? তখন স্থির করলেন, সাধারণ ব্রাহ্মসমাজের সান্ধ্য উপাসনার সময় সে ভজন গাইতে নিশ্চয়ই আসবে, সেখানে গেলেই তাকে দেখতে পাব। আবার ভাবলেন, হঠাৎ সমাজে এভাবে গিয়ে উপস্থিত হলে ব্রাহ্মভক্তদের অসন্তোষের কারণ হব না তো? পরক্ষণেই মনে হল—কেন, কেশবের সমাজে ওরকম কয়েকবার গিয়েও তো তাদের সন্তোষ ছাড়া অসন্তোষ দেখিনি, আর বিজয়, শিবনাথ প্রভৃতি সাধারণ সমাজের নেতারা তো তেমনি আগে অনেকবার দক্ষিণেশ্বরে এসেছেন? ঠাকুরের সরল মন এমন সরলভাবে কথাটার মীমাংসা করার সময় একটি বিষয় স্মরণ করতে ভুলে গেল। তাঁর সংস্পর্শে এসে শ্রীযুত কেশব ও বিজয়ের ধর্ম-সম্বন্ধীয় মতের যে পরিবর্তন হয়েছে, তা লক্ষ করে শিবনাথ-প্রমুখ সাধারণ সমাজভুক্ত ব্রাহ্মদের অনেকে যে আগের মতো তাঁর কাছে যাতায়াত ক্রমশ ছেড়ে দিচ্ছেন, এ কথা ঠাকুরের মনে ক্ষণকালের জন্যও জাগল না। না জাগারই কথা—কারণ, ঈশ্বরের প্রতি তীব্র অনুরাগে মানব-মন উচ্চ ভাব-ভূমিকায় আরোহণ করে তাঁর পূর্ণ কৃপাসৌভাগ্য লাভের পথে যত অগ্রসর হবে, ততই তার আগের ধর্মমতগুলি ক্রমশ পরিবর্তিত হবে, এ কথার সত্যতা তিনি আজীবন প্রাণে প্রাণে উপলব্ধি করেছিলেন। সত্যপ্রিয় ব্রাহ্মরা সত্যের প্রতিষ্ঠার জন্যই এতকাল সংগ্রাম করে আসছেন, অতএব আধ্যাত্মিক উপলব্ধিগুলির ইতি নির্দেশ করতে তাঁরা যে এখন ভিন্ন পথে অগ্রসর হবেন, এ কথা তিনি বুঝবেন কী করে?
তাঁর সেখানে আগমনের ফল
সন্ধ্যা সমাগত। শত ব্রাহ্মভক্তের পূত হৃদয়োচ্ছ্বাস ‘সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম’ ইত্যাদি মন্ত্রের সাহায্যে ঊর্ধ্বে উত্থিত হয়ে শ্রীভগবানের শ্রীপাদপদ্মে মিলিত হতে লাগল। ক্রমে উপাসনা ও ধ্যান শেষ করে ঈশ্বরানুরাগ ও আধ্যাত্মিক ঐকান্তিকতা বৃদ্ধির জন্য আচার্য বেদি থেকে ব্রাহ্মসংঘকে সম্বোধন করে উপদেশ দিতে আরম্ভ করলেন। এমন সময়ে অর্ধবাহ্য অবস্থায় ঠাকুর ব্রাহ্মমন্দিরে প্রবেশ করে বেদিকায় বসে থাকা আচার্যের দিকে এগিয়ে যেতে লাগলেন। সমাগত লোকেদের মধ্যে অনেকে তাঁকে আগে দেখেছিলেন। সুতরাং তাঁর হঠাৎ আসার খবর সংঘের মধ্যে ছড়িয়ে পড়তে দেরি হল না এবং আগে যাঁরা তাঁকে কখনও দর্শন করেননি, তাঁদের কেউ বা দাঁড়িয়ে, কেউ বা বেঞ্চির উপরে উঠে তাঁকে দেখতে লাগলেন। এভাবে সংঘের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়েছে দেখে আচার্য নিজের কাজ বন্ধ করলেন, এবং ঠাকুর যে জন্য হঠাৎ সেখানে এসেছেন, তা বুঝতে পেরে ভজনমণ্ডলীর মধ্যে বসে থাকা নরেন্দ্রনাথ তাঁর পাশে এসে দাঁড়ালেন। কিন্তু বেদির আচার্য বা সমাজের অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি এসে ঠাকুরকে সাদরে আহ্বান করা তো দূরের কথা, তাঁকে বিজয়কৃষ্ণ-প্রমুখ ব্রাহ্মদের মধ্যে ওই মতদ্বৈধ আনার কারণ বলে স্থির করে সেদিন তাঁর প্রতি সাধারণ শিষ্টাচার দেখাতেও উদাসীন রইলেন।
জনতা-নিবারণের জন্য গ্যাস-নির্বাণ করা
ঠাকুর এদিকে কোনো দিকে লক্ষ না করে বেদির কাছে পৌঁছলেন এবং সমাধিস্থ হয়ে পড়লেন। তখন তাঁর সেই অবস্থা দেখার জন্য উপস্থিত জনসাধারণের আগ্রহ বেড়ে যাওয়ায় আগের বিশৃঙ্খলা কমল না, বরং বাড়ল; এবং তা থামানো অসম্ভব দেখে জনতা ভেঙে দেওয়ার উদ্দেশ্যে সমাজ-গৃহের প্রায় সমস্ত গ্যাসের আলো নিভিয়ে দেওয়া হল। ফলে মন্দিরের বাইরে আসার জন্য অন্ধকারে জনতার মধ্যে বিষম গণ্ডগোল বেধে গেল।
নরেন্দ্রের ঠাকুরকে কোনোমতে বাইরে আনা ও দক্ষিণেশ্বরে পৌঁছে দেওয়া
সমাজের কেউ ঠাকুরকে সাদরে গ্রহণ করলেন না দেখে শ্রীযুত নরেন্দ্র আগেই মর্মাহত হয়েছিলেন। অন্ধকারে কীভাবে তাঁকে মন্দিরের বাইরে আনবেন, তা নিয়ে তিনি এবার বিষম চিন্তিত হলেন। তারপর ঠাকুরের সমাধিভঙ্গ হওয়ামাত্র তিনি মন্দিরের পিছনের দরজা দিয়ে তাঁকে কোনোমতে বাইরে এনে, তাঁর সঙ্গে গাড়িতে উঠে দক্ষিণেশ্বরে পৌঁছে দিলেন। নরেন্দ্র বলতেন, “আমার জন্য ঠাকুরকে সেদিন এভাবে লাঞ্ছিত হতে দেখে মনে কতটা দুঃখ-কষ্ট হয়েছিল, তা বলা অসম্ভব। ওই কাজের জন্য তাঁকে সেদিন কত না তিরস্কার করেছিলাম। তিনি কিন্তু সেই ঘটনায় ক্ষুণ্ণ হওয়া বা আমার কথায় কর্ণপাত করা, কিছুই করেননি।”
তাকে ভালোবাসার জন্য নরেন্দ্রের ঠাকুরকে তিরস্কার ও তাঁর জগন্মাতার বাণী শুনে আশ্বস্ত হওয়া
“আমার প্রতি ভালোবাসার জন্য তিনি এমন করে নিজের দিকে কিছুমাত্র লক্ষ রাখেন না দেখে তাঁকে বিষম কঠোর কথা শোনাতেও কখনও কখনও কুণ্ঠিত হইনি। বলতাম—পুরাণে আছে, ভরত রাজা ‘হরিণ’ ভাবতে ভাবতে মৃত্যুর পরে হরিণ হয়েছিল, এ কথা যদি সত্য হয়, তা হলে আমার বিষয়ে অত চিন্তা করার পরিণাম ভেবে আপনার সতর্ক হওয়া উচিত! বালকের মতো সরল ঠাকুর আমার ওইসব কথা শুনে বিষম চিন্তিত হয়েছিলেন। বললেন, ‘ঠিক বলেছিস; তাই তো রে, তাহলে কী হবে, আমি যে তোকে না দেখে থাকতে পারি না।’ দারুণ বিমর্ষ হয়ে ঠাকুর মাকে (শ্রীশ্রীজগদম্বাকে) সে কথা জানাতে গেলেন এবং কিছুক্ষণ পরে হাসতে হাসতে ফিরে এসে বললেন, ‘যা শালা, আমি তোর কথা শুনব না; মা বললেন—তুই ওকে (নরেন্দ্রকে) সাক্ষাৎ নারায়ণ বলে জানিস, তাই ভালবাসিস, যেদিন ওর (নরেন্দ্রের) ভিতর নারায়ণকে না দেখতে পাবি, সেদিন ওর মুখ দেখতেও পারবি না।’ এভাবে আমি আগে যত কথা বুঝিয়েছিলাম, ঠাকুর সেসব সেদিন এক কথায় উড়িয়ে দিয়েছিলেন।”
নরেন্দ্রের মহত্ত্ব সম্বন্ধে ঠাকুরের বাণী
নরেন্দ্রনাথের পবিত্র হৃদয়-মন উচ্চ ভাবসমূহকে আশ্রয় করে সর্বদা কাজে অগ্রসর হয়, ঠাকুরের তীক্ষ্ণদৃষ্টি এ কথা প্রথম দিন থেকে ধরতে পেরেছিল। সেজন্যই নিত্য দেখা যেত, নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের দৈনন্দিন আচরণ অন্য ভাবের। ভগবদ্ভক্তির হানি হবে বলে আহার, বিহার, শয়ন, নিদ্রা, জপ, ধ্যানাদি সবরকম বিষয়ে যে ঠাকুর নিজে নানা নিয়ম পালন করে নিজের ভক্তদের তেমনই করতে সর্বদা উৎসাহিত করতেন, তিনিই আবার নিঃসংকোচে সকলের সমক্ষে এ কথা বারবার স্পষ্ট বলতেন, নরেন্দ্র সেই নিয়মগুলির ব্যতিক্রম করলেও তার কিছুমাত্র প্রত্যবায় হবে না! ‘নরেন্দ্র নিত্যসিদ্ধ’—‘নরেন্দ্র ধ্যানসিদ্ধ’—‘নরেন্দ্রের ভিতরে জ্ঞানাগ্নি সর্বদা প্রজ্বলিত থেকে সর্বপ্রকার আহার্যদোষকে ভস্মীভূত করে দিচ্ছে, সেজন্য যেখানে-সেখানে যা-তা খেলেও তার মন কলুষিত বা বিক্ষিপ্ত হবে না’—‘জ্ঞানখড়্গ দিয়ে সে মায়াময় সমস্ত বন্ধনকে নিত্য খণ্ডবিখণ্ড করে ফেলছে, সেজন্য মহামায়া তাকে কোনোমতে নিজের আয়ত্তে আনতে পারছেন না’—নরেন্দ্রের সম্বন্ধে এমন কত কথাই না আমরা তখন ঠাকুরের শ্রীমুখ থেকে নিত্য শুনতে পেতাম আর বিস্ময়সাগরে নিমগ্ন হতাম।
মারোয়াড়ি ভক্তদের আনা আহার্য নরেন্দ্রকে দান
মারোয়াড়ি ভক্তেরা ঠাকুরকে দেখতে এসে মিছরি, পেস্তা, বাদাম, কিসমিস প্রভৃতি নানারকম খাবার তাঁকে উপহার দিয়ে গেল। ঠাকুর সেগুলির কিছুমাত্র নিজে নিলেন না, সেখানে উপস্থিত কোনো ভক্তকেও দিলেন না, বললেন, “ওরা (মারোয়াড়িরা) নিষ্কামভাবে দান করতে আদৌ জানে না, সাধুকে এক খিলি পান দেওয়ার সময়েও ষোলটা কামনা তার সঙ্গে জুড়ে দেয়, অমন সকাম দাতার অন্ন খেলে ভক্তির হানি হয়!” সুতরাং প্রশ্ন উঠল—তাদের দেওয়া জিনিসগুলি কী করা হবে? ঠাকুর বললেন, “যা, নরেন্দ্রকে ওসব দিয়ে আয়, সে ওসব খেলেও তার কোন হানি হবে না!”
নিষিদ্ধ দ্রব্য ভোজনে নরেন্দ্রের ভক্তিহানি হবে না
নরেন্দ্র হোটেলে খেয়ে এসে ঠাকুরকে বলল, “মহাশয়, আজ হোটেলে সাধারণে যাকে অখাদ্য বলে, খেয়ে এসেছি।” ঠাকুর বুঝলেন, নরেন্দ্র বাহাদুরি দেখানোর জন্য ও কথা বলছে না; বরং সে অমন করেছে বলে তাকে স্পর্শ করতে বা তাঁর ঘরের ঘটি বাটি প্রভৃতি পাত্র ব্যবহার করতে দিতে তাঁর যদি আপত্তি থাকে, তিনি যাতে আগে থেকে সাবধান হতে পারেন, সেইজন্যই এমন বলছে। এই বুঝে বললেন, “তোর তাতে দোষ লাগবে না; শোর গোরু খেয়ে যদি কেউ ভগবানে মন রাখে, তা হলে তা হবিষ্যান্নের তুল্য, আর শাকপাতা খেয়ে যদি বিষয়-বাসনায় ডুবে থাকে, তা হলে তা শোর গোরু খাওয়ার চেয়ে কোন অংশে বড় নয়। তুই অখাদ্য খেয়েছিস তাতে আমার কিছুই মনে হচ্ছে না, কিন্তু (অন্য সকলকে দেখিয়ে) এদের কেউ যদি এসে ওই কথা বলত, তা হলে তাকে স্পর্শ পর্যন্ত করতে পারতাম না!”
ঠাকুরের ভালোবাসায় নরেন্দ্রের উন্নতি ও আত্মবিক্রয়
প্রথম দর্শনের দিন থেকে শ্রীযুত নরেন্দ্র ঠাকুরের কাছে এভাবে যে ভালোবাসা, প্রশংসা ও সব বিষয়ে স্বাধীনতা পেয়েছিলেন, তা পাঠককে যথাযথ বোঝানো একপ্রকার সাধ্যাতীত বলে বোধ হয়। মহানুভব শিষ্যের আন্তরিক শক্তির এতটা সম্মান রেখে তার সঙ্গে সব বিষয়ে আচরণ করা জগদ্গুরুদের জীবনেতিহাসে আর কোথাও দেখা যায় কি না সন্দেহ। ঠাকুর অন্তরের সব কথা নরেন্দ্রনাথকে না বলে নিশ্চিন্ত হতে পারতেন না, সব বিষয়ে তাঁর মতামত চাইতেন, তাঁর সঙ্গে তর্ক করিয়ে সমীপাগত ব্যক্তিদের বুদ্ধি ও বিশ্বাসের বল পরীক্ষা করে নিতেন, এবং ভালো করে পরীক্ষা না করে কোনো বিষয় সত্য বলে গ্রহণ করতে তাঁকে কখনও অনুরোধ করতেন না। বলা বাহুল্য, ঠাকুরের এমন আচরণ শ্রীযুত নরেন্দ্রের আত্মবিশ্বাস, পুরুষকার, সত্যপ্রিয়তা ও শ্রদ্ধাভক্তিকে অল্প সময়ের মধ্যেই শতধারে বাড়িয়ে তুলেছিল, এবং ঠাকুরের অসীম বিশ্বাস ও ভালোবাসা দুর্ভেদ্য প্রাচীরের মতো চারদিক ঘিরে অসীম স্বাধীনতাপ্রিয় নরেন্দ্রকে তাঁর অজ্ঞাতসারে সর্বত্র সবরকম প্রলোভন ও হীন আচরণের হাত থেকে নিত্য রক্ষা করত। এভাবে প্রথম দর্শনের দিনের পর এক বছর কাটতে না কাটতেই শ্রীযুত নরেন্দ্র ঠাকুরের প্রেমে চিরকালের জন্য আত্মবিক্রয় করেছিলেন। কিন্তু ঠাকুরের অহেতুক প্রেমপ্রবাহ তাঁকে ধীরে ধীরে সেই পথে কতদূর অগ্রসর করেছে, তা কি তখন তিনি সম্পূর্ণ বুঝতে পেরেছিলেন? —বোধ হয়, না। বোধ হয়, ঠাকুরের অপার্থিব প্রেম লাভ করে অননুভূতপূর্ব বিশুদ্ধ আনন্দে তাঁর হৃদয় নিরন্তর পূর্ণ ও পরিতৃপ্ত থাকত বলে সেই প্রেম যে কতটা দুর্লভ দেববাঞ্ছিত পদার্থ, তা স্বার্থপর কঠোর সংসারের সংঘর্ষে এসে তুলনা করে বিশেষভাবে বুঝতে তখনও তাঁর কিছু বাকি ছিল। এই কথাগুলি পাঠককে হৃদয়ঙ্গম করাতে কয়েকটি দৃষ্টান্ত দিলে মন্দ হবে না:
শ্রীযুত ম—র সঙ্গে নরেন্দ্রের তর্ক বাধিয়ে দেওয়া
শ্রীযুত নরেন্দ্র ঠাকুরের কাছে আসার কয়েক মাস পরে ১৮৮২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’-প্রণেতা শ্রীযুত ‘ম’ দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের পুণ্যদর্শন লাভ করে ধন্য হয়েছিলেন। তখন বরাহনগরে থাকতেন বলে কীভাবে তিনি উপর্যুপরি কয়েকবার ঠাকুরের কাছে আসার সুবিধা পেয়েছিলেন, ঠাকুরের দু-চারটি জ্ঞানগর্ভ শ্লেষপূর্ণ কথা তাঁর জ্ঞানাভিমান বিদূরিত করে কীভাবে তাঁকে চিরকালের মতো বিনীত শিক্ষার্থীর পদে প্রতিষ্ঠিত করেছিল, সে সব কথা তিনি তাঁর রচিত গ্রন্থের কোনো কোনো জায়গায় নিজেই লিপিবদ্ধ করেছেন। নরেন্দ্রনাথ বলতেন, “সেই সময়ে একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে রাত কাটিয়েছিলাম। পঞ্চবটীতলে কিছুক্ষণ স্থির হয়ে বসে আছি, এমন সময়ে ঠাকুর সহসা সেখানে এসে পড়লেন এবং আমার হাত ধরে হাসতে হাসতে বলতে লাগলেন, ‘আজ তোর বিদ্যা-বুদ্ধি বুঝা যাবে; তুই তো মোটে আড়াইটা পাস করিয়াছিস, আজ সাড়ে তিনটা পাস[1] করা মাস্টার এসেছে; চল, তার সঙ্গে কথা কইবি।’ অগত্যা ঠাকুরের সঙ্গে যেতে হল এবং ঠাকুরের ঘরে গিয়ে শ্রীযুত ম-র সঙ্গে পরিচিত হওয়ার পরে নানা বিষয়ে আলাপ শুরু করলাম। এভাবে কথাবার্তায় আমাদের লাগিয়ে দিয়ে ঠাকুর চুপ করে বসে আমাদের আলাপ শুনতে ও আমাদের লক্ষ করতে লাগলেন। পরে শ্রীযুত ম— সেদিন বিদায় নিয়ে চলে গেলে ঠাকুর বললেন, ‘পাস করলে কী হয়, মাস্টারটার মাদীভাব[2]; কথা কইতেই পারে না!’ ঠাকুর তখন এমনি করে আমাকে সকলের সঙ্গে তর্কে লাগিয়ে দিয়ে রঙ্গ দেখতেন।”
ভক্ত শ্রীকেদারনাথ চট্টোপাধ্যায়
শ্রীযুত কেদারনাথ চট্টোপাধ্যায় ঠাকুরের গৃহস্থ ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন। বোধ হয়, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসার কিছুদিন আগে থেকে ইনি ঠাকুরের কাছে যাতায়াত করতেন। কিন্তু কর্মস্থল পূর্ববঙ্গের ঢাকা শহরে থাকায় পূজাদির ছুটি ছাড়া অন্য সময়ে ইনি ঠাকুরের কাছে বড় একটা আসতে পারতেন না। কেদারনাথ ভক্ত সাধক ছিলেন এবং বৈষ্ণব-তন্ত্রোক্ত ভাব অবলম্বন করে সাধন-পথে অগ্রসর হচ্ছিলেন। ভজন-কীর্তনাদি শুনলে তাঁর দু-নয়নে অশ্রুধারা বইত। সেজন্য ঠাকুর সকলের কাছে তাঁর বিশেষ প্রশংসা করতেন। কেদারনাথের ভগবৎপ্রেম দেখে ঢাকার বহু লোক তাঁকে শ্রদ্ধা-ভক্তি করত। অনেকে আবার তাঁর উপদেশমতো ধর্মজীবন গঠন করতে এগিয়ে আসত। শোনা যায়, ঠাকুরের কাছে যখন বহু লোকের সমাগম হতে লাগল, তখন ধর্ম-বিষয়ে আলোচনা করতে করতে পরিশ্রান্ত ও ভাবাবিষ্ট হয়ে তিনি এক সময়ে শ্রীশ্রীজগন্মাতাকে বলেছিলেন, ‘মা, আমি আর এত বকতে পারি না; তুই কেদার, রাম, গিরিশ ও বিজয়কে[3] একটু একটু শক্তি দে, যাতে লোকে তাদের কাছে গিয়ে কিছু শেখবার পরে এখানে (আমার কাছে) আসে এবং দুই-এক কথাতেই চৈতন্যলাভ করে!’ —কিন্তু সে অনেক পরের কথা।
কেদারের তর্কশক্তি ও নরেন্দ্রের সঙ্গে প্রথম পরিচয়
কিছুদিনের জন্য ছুটি নিয়ে শ্রীযুত কেদার সেই সময়ে কলিকাতায় এসে ঠাকুরের কাছে মধ্যে মধ্যে আসার সুযোগ পেয়েছিলেন। ঠাকুরও সাধক ভক্তকে কাছে পেয়ে পরম উৎসাহে তাঁর সঙ্গে ধর্মালাপ করছিলেন এবং সমীপাগত অন্যান্য ভক্তদের তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। শ্রীযুত নরেন্দ্র এই সময়ে একদিন ঠাকুরের কাছে এসে কেদারনাথকে দেখতে পেলেন এবং ভজন গাওয়ার সময় তাঁর ভাবাবেগ লক্ষ করলেন। পরে কেদারের সঙ্গেও ঠাকুর কিছুক্ষণের জন্য নরেন্দ্রনাথের তর্ক বাধিয়ে দিলেন। কেদার নিজের ধরনে মন্দ তর্ক করতেন না এবং প্রতিদ্বন্দ্বীর কথার অযৌক্তিকতা সময়ে সময়ে তীক্ষ্ণ শ্লেষবাক্য প্রয়োগ করে দেখিয়ে দিতেন। একদিন তিনি যে কথাগুলি বলে বাদীকে নিরস্ত করেছিলেন, তা ঠাকুরের বিশেষ মনোজ্ঞ হয়েছিল; তাই কেউ আবার তাঁর কাছে তেমন প্রশ্ন তুললে ঠাকুর প্রায়ই বলতেন, কেদার এমন প্রশ্নের এই উত্তর দেয়। বাদী সেদিন প্রশ্ন তুলেছিল, ভগবান যদি সত্যি সত্যিই দয়াময় হন, তবে তাঁর সৃষ্টিতে এত দুঃখকষ্ট অন্যায় অত্যাচারাদি সৃজন করেছেন কেন? যথেষ্ট অন্ন উৎপন্ন না হওয়ায় সময়ে সময়ে দুর্ভিক্ষে সহস্র সহস্র লোক অনাহারে মারা যায় কেন? কেদার তা শুনে উত্তর দিয়েছিলেন, “দয়াময় হয়েও ঈশ্বর তাঁর সৃষ্টিতে দুঃখ কষ্ট, অপমৃত্যু ইত্যাদি রাখার কথা যেদিন স্থির করেছিলেন, সেদিনকার মিটিং-এ (সভায়) আমাকে ডাকেননি; সুতরাং কেমন করে সে কথা বুঝতে পারব?” কিন্তু নরেন্দ্রনাথের তীক্ষ্ণ যুক্তিতে সকলের সামনে কেদারকে এদিন নিরস্ত হতে হয়েছিল।
ঠাকুরের জিজ্ঞাসায় কেদারের সম্বন্ধে নরেন্দ্রের নিজের মত প্রকাশ
কেদার বিদায় নেওয়ার পরে ঠাকুর নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন, “কী রে, কেমন দেখলি? কেমন ভক্তি বল দেখি, ভগবানের নামে একেবারে কেঁদে ফেলে! হরি বলতে যার চোখে ধারা বয়, সে জীবন্মুক্ত; কেদারটি বেশ—নয়?” পবিত্র-হৃদয় তেজীয়ান নরেন্দ্রনাথ তাদের অন্তর থেকে ঘৃণা করতেন, যারা ধর্মলাভের জন্যই হোক অথবা অন্য যে-কোনো কারণেই হোক, পুরুষ-শরীর ধারণ করে নারীসুলভ ভাব অবলম্বন করে। দৃঢ়সংকল্প ও উদ্যমের সাহায্য না নিয়ে পুরুষ কেবল কান্নাকে আশ্রয় করে ঈশ্বরের কাছে উপস্থিত হবে, এ কথা তাঁর কাছে পুরুষত্বের অবমাননা বলে সর্বদা মনে হত। ঈশ্বরে একান্ত নির্ভর করলেও পুরুষ চিরকাল পুরুষই থাকবে এবং পুরুষের মতো তাঁর কাছে আত্মসমর্পণ করবে, নরেন্দ্রনাথের এই মত ছিল। সুতরাং ঠাকুরের এই কথা সম্পূর্ণ হৃদয়ে অনুমোদন করতে না পেরে তিনি বললেন, “তা মহাশয়, আমি কেমন করে জানব? আপনি (লোক-চরিত্র) বোঝেন, আপনি বলতে পারেন। নইলে কান্নাকাটি দেখে ভালোমন্দ কিছুই বোঝা যায় না। একদৃষ্টে চেয়ে থাকলে চোখ দিয়ে অমন কত জল পড়ে! আবার শ্রীমতীর বিরহসূচক কীর্তনাদি শুনে যারা কাঁদে, তাদের বেশির ভাগই নিজ নিজ স্ত্রীর সঙ্গে বিরহের কথা স্মরণ করে বা নিজের উপর সেই অবস্থার আরোপ করে কাঁদে, তাতে সন্দেহ নেই! অমন অবস্থার সঙ্গে সম্পূর্ণ অপরিচিত আমার মতো লোকেদের মাথুর কীর্তন শুনলেও অন্যের মতো সহজেই কাঁদবার প্রবৃত্তি কখনোই আসবে না।” এভাবে শ্রীযুত নরেন্দ্র যা সত্য বলে বুঝতেন, ঠাকুর জিজ্ঞাসা করলে তা সর্বদা নির্ভয় অন্তরে তাঁর কাছে প্রকাশ করতেন। ঠাকুরও এতে সর্বদা প্রসন্নই হতেন, কখনও রুষ্ট হতেন না। কারণ, অন্তর্দর্শী ঠাকুর নিশ্চয় বুঝেছিলেন, সত্যপ্রাণ নরেন্দ্রের ভাবের ঘরে কিছুমাত্র চুরি নেই।
সাকারোপাসনার জন্য নরেন্দ্রের তিরস্কার, রাখালের ভয় ও ঠাকুরের কথায় উভয়ের মধ্যে পুনরায় প্রীতিস্থাপন
ঠাকুরের দর্শনলাভের অল্পদিন আগে নরেন্দ্রনাথ ব্রাহ্মসমাজে যোগ দিয়েছিলেন। নিরাকার অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাস রেখে কেবলমাত্র তাঁরই উপাসনা ও ধ্যানধারণা করবেন, এই মর্মে ব্রাহ্মসমাজের অঙ্গীকারপত্রে এই সময়ে তিনি সই করে দিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিক ব্রাহ্ম হয়ে সেই সমাজে প্রচলিত সামাজিক আচারব্যবহারাদি অবলম্বন করার সংকল্প তাঁর মনে কখনও জাগেনি। শ্রীযুত রাখাল এর আগে থেকেই নরেন্দ্রনাথের সঙ্গে পরিচিত ছিলেন এবং তাঁর সঙ্গে অনেক সময় কাটাতেন। শিশুর মতো কোমল-প্রকৃতিসম্পন্ন নির্ভরশীল রাখালচন্দ্র যে নরেন্দ্রনাথের সপ্রেম ব্যবহারে মুগ্ধ হয়ে তাঁর প্রবল ইচ্ছাশক্তির দ্বারা সব বিষয়ে নিয়ন্ত্রিত হবেন, এতে আশ্চর্যের কিছু নেই। সুতরাং নরেন্দ্রনাথের পরামর্শে তিনিও সেই সময়ে ব্রাহ্মসমাজের ওই অঙ্গীকারপত্রে সই করেছিলেন। এই ঘটনার অল্পদিন পরেই রাখালচন্দ্র ঠাকুরের পুণ্যদর্শন লাভ করে কৃতার্থ হলেন এবং তাঁর উপদেশে সাকারোপাসনার সুপ্ত প্রীতি রাখালের অন্তরে আবার জেগে উঠল। তার কয়েক মাস পরে নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসতে আরম্ভ করলেন এবং রাখালচন্দ্রকে সেখানে দেখে পরম প্রীত হলেন। কিছুদিন পরে নরেন্দ্রনাথ দেখতে পেলেন, রাখালচন্দ্র ঠাকুরের সঙ্গে মন্দিরে গিয়ে দেববিগ্রহগুলিকে প্রণাম করছেন। সত্যপরায়ণ নরেন্দ্র এতে ক্ষুণ্ণ হয়ে রাখালচন্দ্রকে আগের কথা মনে করিয়ে দিয়ে তীব্র অনুযোগ করতে লাগলেন। বললেন, “ব্রাহ্মসমাজের অঙ্গীকারপত্রে সই করে আবার মন্দিরে গিয়ে প্রণাম করায় তোমাকে মিথ্যাচারে দূষিত হতে হয়েছে।” কোমল-প্রকৃতি রাখাল বন্ধুর এমন কথায় নীরব রইলেন এবং তখন থেকে কিছুদিন তাঁর সঙ্গে দেখা করতে ভীত ও সংকুচিত হতে লাগলেন। পরিশেষে ঠাকুর রাখালচন্দ্রের এমন হওয়ার কারণ জানতে পেরে নরেন্দ্রনাথকে মিষ্টি কথায় নানাভাবে বুঝিয়ে বললেন, “দেখ, রাখালকে আর কিছু বলিসনি, সে তোকে দেখলেই ভয়ে জড়সড় হয়; তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কী করবে, বল; সকলে কি প্রথম থেকে নিরাকার ধারণা করতে পারে?” শ্রীযুত নরেন্দ্রও সেই থেকে রাখালের উপর দোষারোপে ক্ষান্ত দিলেন।
অদ্বৈতবাদে বিশ্বাসী করতে ঠাকুরের চেষ্টা ও নরেন্দ্রের প্রতিবাদ
নরেন্দ্রনাথকে উত্তম অধিকারী জেনে প্রথম দিন থেকে ঠাকুর তাঁকে অদ্বৈততত্ত্বে বিশ্বাসী করে তুলতে প্রযত্ন করতেন। নরেন্দ্র দক্ষিণেশ্বরে এলেই ঠাকুর তাঁকে অষ্টাবক্রসংহিতাদি গ্রন্থ পড়তে দিতেন। নিরাকার সগুণ ব্রহ্মের দ্বৈতভাবে উপাসনায় রত নরেন্দ্রনাথের চোখে সেই সব গ্রন্থ তখন নাস্তিক্য-দোষে দুষ্ট বলে মনে হত। ঠাকুরের অনুরোধে একটু-আধটু পড়ার পরেই তিনি স্পষ্ট বলে বসতেন, “এর সঙ্গে নাস্তিকতার প্রভেদ কী? সৃষ্ট জীব নিজেকে স্রষ্টা বলে ভাববে? এর চেয়ে বেশি পাপ আর কী হতে পারে? আমি ঈশ্বর, তুমি ঈশ্বর, জন্ম-মরণশীল যাবতীয় পদার্থ সবই ঈশ্বর—এর চেয়ে অযুক্তিকর কথা আর কী হবে? গ্রন্থকর্তা ঋষিমুনিদের নিশ্চয় মাথা খারাপ হয়ে গিয়েছিল, নইলে এমন সব কথা লিখবেন কী করে?” ঠাকুর স্পষ্টবাদী নরেন্দ্রনাথের এসব কথা শুনে হাসতেন এবং সহসা তাঁর সেই ভাবটিতে আঘাত না করে বলতেন, “তা তুই ঐ কথা এখন নাই বা নিলি, তা বলে মুনিঋষিদের নিন্দা ও ঈশ্বরীয় স্বরূপের ইতি করিস কেন? তুই সত্যস্বরূপ ভগবানকে ডেকে যা, তারপর তিনি তোর কাছে যে ভাবে প্রকাশিত হবেন, তা-ই বিশ্বাস করবি।” কিন্তু ঠাকুরের সে কথা নরেন্দ্র বড় একটা শুনতেন না। কারণ, যুক্তি দিয়ে যার প্রতিষ্ঠা হয় না, তা-ই তখন তাঁর কাছে মিথ্যা বলে মনে হত, এবং সর্বপ্রকার মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানো তাঁর স্বভাবসিদ্ধ ছিল। সুতরাং ঠাকুর ছাড়া অন্য অনেকের কাছেও কথাপ্রসঙ্গে অদ্বৈতবাদের বিরুদ্ধে নানারকম যুক্তি দেখাতে এবং সময়ে সময়ে শ্লেষবাক্য প্রয়োগ করতেও তিনি কুণ্ঠিত হতেন না।
প্রতাপচন্দ্র হাজরা
প্রতাপচন্দ্র হাজরা নামে এক ব্যক্তি তখন দক্ষিণেশ্বর-উদ্যানে থাকতেন। প্রতাপের সাংসারিক অবস্থা আগের মতো সচ্ছল ছিল না। সেজন্য ধর্মলাভের প্রযত্ন করলেও অর্থকামনা অনেক সময় তাঁর অন্তরে আধিপত্য লাভ করত। তাই তাঁর ধর্মাচরণের মূলে প্রায়ই সকাম ভাব থাকত। কিন্তু বাইরে সে কথা কাউকে জানতে দেওয়া দূরে থাকুক, তিনি সর্বদা নিষ্কামভাবে উপাসনার উচ্চ উচ্চ কথা লোকের কাছে বলে প্রশংসা পেতে চেষ্টা করতেন। শুধু তা-ই নয়, ধর্ম-কর্ম করার সময় প্রতি পদে নিজের লাভ-লোকসান খতিয়ে দেখা তাঁর স্বভাবসিদ্ধ ছিল, এবং বোধ হয়, জপ-তপ প্রভৃতি দিয়ে কোনোরকম সিদ্ধাই লাভ করে নিজের অর্থকামনা পূরণ করবেন, এ কথাও মধ্যে মধ্যে তাঁর মনে উঁকিঝুঁকি মারত। ঠাকুর প্রথম দিন থেকেই তাঁর অন্তরের এই ভাব বুঝতে পেরেছিলেন এবং তা ত্যাগ করে যথার্থ নিষ্কামভাবে ঈশ্বরকে ডাকতে তাঁকে উপদেশ দিয়েছিলেন। দুর্বলচেতা হাজরা যে শুধু ঠাকুরের সেই কথা নিতে পারেননি তা নয়, ভুল ধারণা, অহংকার এবং স্বার্থসিদ্ধির প্রেরণায় ঠাকুরকে দর্শন করতে আসা লোকেদের কাছে সুযোগ পেলেই প্রচারও করতেন যে, তিনি নিজেও একটা কম সাধু নন। এমন করলেও বোধ হয় তাঁর অন্তরে সৎ হওয়ার যথার্থ ইচ্ছা একটু-আধটু ছিল। কারণ, ঠাকুর তাঁর এই ধরনের কার্যকলাপের কথা নিত্য জানতে পারলেও এবং সেজন্য কখনও কখনও তীব্র তিরস্কার করলেও তাঁকে সেখান থেকে একেবারে তাড়িয়ে দেননি। তবে তিনি আমাদের মধ্যে কাউকে কাউকে হাজরার সঙ্গে বেশি মেলামেশা করার বিষয়ে সতর্ক করে দিতেন; বলতেন, “হাজরা শালার ভারী পাটোয়ারী বুদ্ধি, ওর কথা শুনিসনি।”
হাজরা মহাশয়ের বুদ্ধিমত্তায় নরেন্দ্রের প্রসন্নতা
অন্যান্য দোষ-গুণের সঙ্গে হাজরা মহাশয়ের অন্তরে সহজে কোনো বিষয় বিশ্বাস করব না, এ ভাবটিও ছিল। তাঁর মতো স্বল্পশিক্ষিত লোকেদের তুলনায় তাঁর বুদ্ধিও মন্দ ছিল না। সেজন্য নরেন্দ্রনাথের মতো ইংরেজিশিক্ষিত ব্যক্তিরা যখন পাশ্চাত্য সন্দেহবাদী দার্শনিকদের মতামত আলোচনা করতেন, তখন তিনি তার কিছু কিছু বুঝতে পারতেন। তাই বুদ্ধিমান নরেন্দ্র তাঁর উপর প্রসন্ন ছিলেন এবং দক্ষিণেশ্বরে এলেই অবকাশমতো দু-এক ঘণ্টা হাজরা মহাশয়ের সঙ্গে আলাপ করে কাটাতেন। নরেন্দ্রনাথের প্রখর বুদ্ধির সামনে হাজরার মাথা সর্বদা নত হত। তিনি বিশেষ মনোযোগ দিয়ে শ্রীযুত নরেন্দ্রের কথাগুলি শুনতেন এবং মধ্যে মধ্যে তাঁকে তামাক সেজে খাওয়াতেন। হাজরার প্রতি নরেন্দ্রের এমন সদয় ভাব দেখে আমরা অনেকে রসিকতা করে বলতাম, “হাজরা মহাশয় হচ্চেন নরেন্দ্রের ‘ফেরেণ্ড’ (friend)।”
নরেন্দ্রের দক্ষিণেশ্বরে আগমনে ঠাকুরের আচরণ
নরেন্দ্র দক্ষিণেশ্বরে এলে ঠাকুর অনেক সময় তাঁকে দেখামাত্র ভাবাবিষ্ট হয়ে পড়তেন! পরে অর্ধবাহ্যদশা প্রাপ্ত হয়ে অনেকক্ষণ ধরে পরমানন্দে তাঁর সঙ্গে ধর্মালাপ করতেন। সেই সময়ে তিনি যেন নানা কথায় ও আচরণে উচ্চ আধ্যাত্মিক প্রত্যক্ষসমূহ নরেন্দ্রের অন্তরে প্রবেশ করিয়ে দিতে প্রযত্ন করতেন। কখনও বা এমন সময়ে তিনি গান (ভজন) শুনতে চাইতেন, এবং নরেন্দ্রের সুমধুর কণ্ঠ শোনামাত্র পুনরায় সমাধিস্থ হয়ে পড়তেন। নরেন্দ্রনাথের গান কিন্তু সেজন্য থামত না, তন্ময় হয়ে তিনি কয়েক ঘণ্টা ধরে একের পর এক অন্য গান গেয়ে যেতেন। ঠাকুর আবার অর্ধবাহ্যদশা প্রাপ্ত হয়ে হয়তো নরেন্দ্রনাথকে কোনো একটি বিশেষ সংগীত গাইতে অনুরোধ করতেন। কিন্তু সবশেষে নরেন্দ্রের মুখে ‘যো কুছ্ হ্যায় সো তুহি হ্যায়’ সংগীতটি না শুনলে তাঁর পূর্ণ পরিতৃপ্তি হত না। পরে অদ্বৈতবাদের নানা রহস্য, যেমন—জীব ও ঈশ্বরের প্রভেদ, জীব ও ব্রহ্মের স্বরূপ ইত্যাদি কথায় কতক্ষণ কেটে যেত। এভাবে নরেন্দ্রনাথের উপস্থিতিতে দক্ষিণেশ্বরে আনন্দের তুফান ছুটত।
অদ্বৈততত্ত্ব সম্বন্ধে হাজরার কাছে নরেন্দ্রের জল্পনা ও ঠাকুরের ভাবাবেশে তাকে স্পর্শ
একদিন ঠাকুর ওইভাবে নরেন্দ্রনাথকে অদ্বৈতবিজ্ঞানের জীবব্রহ্মের ঐক্যসূচক অনেক কথা বলেছিলেন। নরেন্দ্র সেই সব কথা মনোনিবেশ করে শুনেও হৃদয়ঙ্গম করতে পারলেন না, এবং ঠাকুরের কথা শেষ হলে হাজরা মহাশয়ের কাছে গিয়ে বসে তামাক খেতে খেতে আবার সেই সব কথা নিয়ে আলোচনা করে বলতে লাগলেন, “তা কি কখনও হতে পারে? ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, যা কিছু দেখছি এবং আমরা সকলেই ঈশ্বর?” হাজরা মহাশয়ও নরেন্দ্রনাথের সঙ্গে যোগ দিয়ে তেমনই ব্যঙ্গ করায় দুজনের মধ্যে হাসির রোল উঠল। ঠাকুর তখনও অর্ধবাহ্যদশায় ছিলেন। নরেন্দ্রকে হাসতে শুনে তিনি বালকের মতো পরনের কাপড়খানি বগলে নিয়ে বাইরে এলেন এবং ‘তোরা কী বলছিস রে’ বলে হাসতে হাসতে কাছে এসে নরেন্দ্রকে স্পর্শ করে সমাধিস্থ হয়ে পড়লেন।
সেই স্পর্শের ফলে নরেন্দ্রের অদ্ভুত দর্শন
নরেন্দ্রনাথ বলতেন, “ঠাকুরের সেদিনকার অদ্ভুত স্পর্শে মুহূর্তের মধ্যে ভাবান্তর হল। স্তম্ভিত হয়ে সত্যি সত্যিই দেখতে লাগলাম, ঈশ্বর ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডে অন্য কিছুই আর নেই! এমন দেখেও কিন্তু নীরব রইলাম, ভাবলাম—দেখি কতক্ষণ পর্যন্ত এই ভাব থাকে। কিন্তু সেই ঘোর সেদিন কিছুমাত্র কমল না। বাড়িতে ফিরলাম, সেখানেও তা-ই—যা কিছু দেখতে লাগলাম, সে সবই তিনি, এমন বোধ হতে লাগল। খেতে বসলাম, দেখি অন্ন, থালা, যিনি পরিবেশন করছেন, সে সবই এবং আমি নিজেও তিনি ছাড়া অন্য কেউ নয়! দু-এক গ্রাস খেয়েই স্থির হয়ে বসে রইলাম। ‘বসে আছিস কেন রে, খা না’—মায়ের এই কথায় হুঁশ হতে আবার খেতে আরম্ভ করলাম। এভাবে খেতে, শুতে, কলেজ যেতে, সব সময়েই তেমনই দেখতে লাগলাম এবং সর্বদা কেমন একটা ঘোরে আচ্ছন্ন হয়ে রইলাম। রাস্তায় চলেছি, গাড়ি আসছে দেখছি, কিন্তু অন্য সময়ের মতো সেটা ঘাড়ে এসে পড়বার ভয়ে সরবার প্রবৃত্তি হত না! —মনে হত, ওটাও যা আমিও তা-ই! এই সময়ে হাত-পা সর্বদা অসাড় হয়ে থাকত এবং খেয়ে কিছুমাত্র তৃপ্তি হত না। মনে হত যেন অন্য কেউ খাচ্ছে। খেতে খেতে সময়ে সময়ে শুয়ে পড়তাম এবং কিছুক্ষণ পরে উঠে আবার খেতে থাকতাম। এক-একদিন এমনি করে অনেক বেশি খেয়ে ফেলতাম। কিন্তু তার জন্য কোনো অসুখও হত না! —মা ভয় পেয়ে বলতেন, ‘তোর দেখছি ভিতরে ভিতরে একটা বিষম অসুখ হয়েছে’—কখনও কখনও বলতেন, ‘ও আর বাঁচবে না’। যখন ওই আচ্ছন্ন ভাবটা একটু কমে যেত, তখন জগৎটাকে স্বপ্ন বলে মনে হত! হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াতে গিয়ে তার চারপাশের লোহার রেলে মাথা ঠুকে দেখতাম, যা দেখছি তা স্বপ্নের রেল, না সত্যিকারের! হাত-পায়ের অসাড়তার জন্য মনে হত, পক্ষাঘাত হবে না তো? এভাবে কিছুদিন ধরে সেই বিষম ভাবের ঘোর ও আচ্ছন্নতার হাত থেকে পরিত্রাণ পাইনি। যখন প্রকৃতিস্থ হলাম, তখন ভাবলাম, সেটাই অদ্বৈতবিজ্ঞানের আভাস! তবে তো শাস্ত্রে এ বিষয়ে যা লেখা আছে, তা মিথ্যা নয়! সেই থেকে অদ্বৈততত্ত্ব সম্বন্ধে আর কখনও সন্দিহান হতে পারিনি।”
নরেন্দ্রের সঙ্গে গ্রন্থকারের একদিনের আলাপের ফল
আর একটি আশ্চর্য ঘটনাও আমরা অন্য এক সময়ে নরেন্দ্রনাথের কাছে শুনেছিলাম। ১৮৮৪ খ্রিস্টাব্দের শীতকালে, যখন তাঁর সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত হয়েছি, তখন তিনি আমাদের কাছে সেই ঘটনার কথা বলেছিলেন। কিন্তু আমাদের অনুমান, ঘটনাটি এই সময়ে ঘটেছিল। সেজন্য এখানেই পাঠককে সে কথা বলছি। আমাদের মনে আছে, সেদিন দুপুরের কিছু আগে আমরা সিমলার গৌরমোহন মুখার্জি স্ট্রিটে নরেন্দ্রনাথের বাড়িতে গিয়েছিলাম এবং রাত প্রায় এগারোটা পর্যন্ত তাঁর সঙ্গে কাটিয়েছিলাম। শ্রীযুক্ত রামকৃষ্ণানন্দ স্বামীজীও সেদিন আমাদের সঙ্গে ছিলেন। প্রথম দর্শনের দিন থেকে আমরা নরেন্দ্রের প্রতি যে দিব্য আকর্ষণে আকৃষ্ট হয়েছিলাম, বিধাতার বিধানে সেদিন তা সহস্রগুণে ঘনীভূত হয়ে উঠেছিল। এর আগে আমরা ঠাকুরকে একজন ঈশ্বরজানিত ব্যক্তি বা সিদ্ধপুরুষ মাত্র বলে ধারণা করেছিলাম। কিন্তু ঠাকুরের সম্বন্ধে নরেন্দ্রনাথের সেদিনকার প্রাণস্পর্শী কথাগুলি আমাদের অন্তরে নতুন আলো এনে দিয়েছিল। আমরা বুঝেছিলাম, মহামহিম শ্রীচৈতন্য ও ঈশা প্রভৃতি জগদ্গুরু মহাপুরুষদের জীবনেতিহাসে লিপিবদ্ধ যে-সব অলৌকিক ঘটনার কথা পড়ে আমরা এতকাল অবিশ্বাস করে আসছি, তেমন সব ঘটনা ঠাকুরের জীবনে নিত্যই ঘটছে—ইচ্ছা বা স্পর্শমাত্রেই তিনি শরণাগত ব্যক্তির সংস্কারবন্ধন মোচন করে তাকে ভক্তি দিচ্ছেন, সমাধিস্থ করে দিব্যানন্দের অধিকারী করছেন, অথবা তার জীবনগতি আধ্যাত্মিক পথে এমনভাবে প্রবর্তিত করছেন যে, অচিরে ঈশ্বরদর্শন লাভ করে সে চিরকালের মতো কৃতার্থ হচ্ছে! আমাদের মনে আছে, ঠাকুরের কৃপা লাভ করে নিজের জীবনে যে-সব দিব্যানুভব হয়েছে, সে-সবের কথা বলতে বলতে নরেন্দ্রনাথ সেদিন সন্ধ্যায় হেদুয়া পুষ্করিণীর ধারে আমাদের বেড়াতে নিয়ে গিয়েছিলেন, এবং কিছুক্ষণ আপনাতে আপনি মগ্ন থেকে পরিশেষে অন্তরের অদ্ভুত আনন্দাবেশ কিন্নরকণ্ঠে প্রকাশ করেছিলেন –
“প্রেমধন বিলায় গোরা রায়!
চাঁদ নিতাই ডাকে আয় আয়!
(তোরা কে নিবি রে আয়!)
প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়!
প্রেমে শান্তিপুর ডুবু ডুবু
নদে ভেসে যায়!
(গৌর-প্রেমের হিল্লোলেতে)
নদে ভেসে যায়!”
নরেন্দ্রের অদ্ভুত ঘটনার উল্লেখ
গান সাঙ্গ হলে নরেন্দ্রনাথ যেন নিজেকে নিজেই সম্বোধন করে ধীরে ধীরে বলেছিলেন, “সত্যি সত্যিই বিলোচ্ছেন! প্রেম বল, ভক্তি বল, জ্ঞান বল, মুক্তি বল, গোরা রায় যাকে যা ইচ্ছা তাকে তা-ই বিলোচ্ছেন! কী অদ্ভুত শক্তি! (কিছুক্ষণ স্থির হয়ে থাকার পরে বলছেন) রাতে ঘরে খিল দিয়ে বিছানায় শুয়ে আছি, সহসা আকর্ষণ করে দক্ষিণেশ্বরে হাজির করালেন—শরীরের ভিতরে যেটা আছে সেইটাকে; পরে কত কথা কত উপদেশের পর আবার ফিরতে দিলেন! সব করতে পারেন—দক্ষিণেশ্বরের গোরা রায় সব করতে পারেন!”
গ্রন্থকারের বাসস্থানে এসে নরেন্দ্রের অপূর্ব উপলব্ধি
সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হয়ে তামসী রাত্রিতে পরিণত হয়েছে। পরস্পরকে দেখতে পাচ্ছি না, প্রয়োজনও হচ্ছে না। —কারণ, নরেন্দ্রের জ্বলন্ত ভাবরাশি মরমে প্রবিষ্ট হয়ে অন্তরে এমন এক দিব্য মাদকতা এনে দিয়েছে—যাতে শরীর টলছে এবং এতকালের বাস্তব জগৎ যেন দূরে স্বপ্নরাজ্যে অপসৃত হয়েছে, আর অহৈতুকী কৃপার প্রেরণায় অনাদি অনন্ত ঈশ্বর যে সান্তবৎ হয়ে উদয় হন এবং জীবের সংস্কার-বন্ধন বিনষ্ট করে ধর্মচক্র প্রবর্তন করেন, এই সত্য—যা জগতের অধিকাংশের মতে অবাস্তব কল্পনাসম্ভূত—তা তখন জীবন্ত সত্য হয়ে সামনে দাঁড়িয়েছে! —সময় কোথা দিয়ে কীভাবে পালাল, তা বুঝতে পারলাম না, কিন্তু সহসা শুনতে পেলাম রাত নটা বেজে গেল। নিতান্ত অনিচ্ছাসত্ত্বেও বিদায় নেওয়ার সংকল্প করছি, এমন সময়ে নরেন্দ্র বললেন, “চল, তোমাদের কিছুদূর এগিয়ে দিয়ে আসি।” যেতে যেতে আবার আগের মতো কথাগুলির আলোচনা আরম্ভ হওয়ায় আমরা এত তন্ময় হয়ে গেলাম যে, চাঁপাতলার কাছে বাড়িতে পৌঁছনোর পরে মনে হল, শ্রীযুত নরেন্দ্রকে এতদূর আসতে দেওয়া ভালো হয়নি। তাই বাড়িতে ডেকে তাঁকে কিছু জলযোগ করিয়ে বেড়াতে বেড়াতে তাঁদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলাম। সেদিনকার আর একটি কথাও বেশ মনে আছে। আমাদের বাড়িতে প্রবেশ করেই শ্রীযুত নরেন্দ্র সহসা স্থির হয়ে দাঁড়িয়ে বলেছিলেন, “এ বাড়ি যে আমি আগে দেখেছি! এর কোথা দিয়ে কোথায় যেতে হয়, কোথায় কোন ঘর আছে, সে সবই যে আমার পরিচিত—আশ্চর্য!” নরেন্দ্রনাথের জীবনে সময়ে সময়ে এমন অনুভব আসার কথা এবং তার কারণ সম্বন্ধে তিনি যা বলেছিলেন, তা আমরা পাঠককে অন্যত্র বলেছি। সেজন্য এখানে আর তার উল্লেখ করলাম না।
[1] নরেন্দ্রনাথ তখন বি.এ. পড়তে আরম্ভ করেছিলেন এবং শ্রীযুত ম বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইন (বি.এল.) পড়ছিলেন – সেই কথাই ঠাকুর ওইভাবে বলেছিলেন।
[2] ঠাকুর এখানে অন্য শব্দ ব্যবহার করেছিলেন।
[3] শ্রীযুত কেদারনাথ চট্টোপাধ্যায়, রামচন্দ্র দত্ত, গিরিশচন্দ্র ঘোষ ও বিজয়কৃষ্ণ গোস্বামী।
ঠাকুরের অদ্ভুত লোক-পরীক্ষা
অসাধারণ লক্ষণগুলি দেখে ঠাকুর নরেন্দ্রনাথকে উত্তম অধিকারী বলে স্থির করে প্রথম মিলনের দিন থেকে নিজের অদৃষ্টপূর্ব অহেতুক ভালোবাসায় আবদ্ধ করেছিলেন এবং পরে সময়ে সময়ে পরীক্ষা করে আধ্যাত্মিক সব বিষয়ে শিক্ষা দান করতে এগিয়েছিলেন, এ কথা আমরা পাঠককে বলেছি। অতএব কীভাবে কতরকমে ঠাকুর নরেন্দ্রকে পরীক্ষা করেছিলেন, তার কিছু আভাস এখানে লিপিবদ্ধ করা প্রয়োজন।
কুচবিহার-বিবাহে মতভেদ নিয়ে দলভঙ্গ হওয়ার উপক্রম হলে ঠাকুর কেশবচন্দ্রকে বলেছিলেন, “তুমি পরীক্ষা না করে যাকে তাকে নিয়ে দলবৃদ্ধি কর, সুতরাং তোমার দল ভেঙে যাবে এতে আশ্চর্য কী? পরীক্ষা না করে আমি কখনও কাউকে গ্রহণ করি না।” বাস্তবিক, সমীপাগত ভক্তদের, তাদের জ্ঞাতসারে ও অজ্ঞাতসারে, ঠাকুর কতরকমে পরীক্ষা করে নিতেন, তা ভাবলে বিস্ময়ের অবধি থাকে না। মনে হয়, নিরক্ষর বলে যিনি জনসমাজে নিজেকে পরিচিত করেছেন, লোকচরিত্র বোঝার এই সব অদৃষ্ট ও অশ্রুতপূর্ব উপায় তিনি কোথা থেকে কেমন করে আয়ত্ত করেছিলেন! মনে হয়, তা কি তাঁর পূর্বজন্মার্জিত বিদ্যার ইহজন্মে স্বয়ংপ্রকাশ—অথবা, সাধন-প্রভাবে ঋষিকুলের মতো অতীন্দ্রিয়দর্শিত্ব ও সর্বজ্ঞত্বলাভের ফল—অথবা, অন্তরঙ্গ ভক্তদের কাছে তিনি ঈশ্বরাবতার বলে যে নিজের পরিচয় দিতেন, সেই বিশেষত্বের কারণেই তাঁর এমন জ্ঞানপ্রকাশ ঘটেছিল? এমন নানা কথা মনে উদয় হলেও সে বিষয়ের মীমাংসা করতে আমরা আপাতত অগ্রসর হচ্ছি না, বরং ঘটনাবলির যথাযথ বিবরণ যতদূর সম্ভব দিয়ে পাঠকের উপরে সেই মীমাংসার ভার অর্পণ করছি।
পরীক্ষা-প্রণালীর সাধারণ বিধি
লোকচরিত্র বোঝার জন্য ঠাকুরকে যে-সব উপায় অবলম্বন করতে দেখেছি, সে সম্বন্ধে কয়েকটি ঘটনার উল্লেখ করলেই সেগুলির অদ্ভুত অলৌকিকত্ব পাঠকের হৃদয়ঙ্গম হবে; কিন্তু তার আগে সেগুলি সম্বন্ধে কয়েকটি কথা জানা বিশেষ প্রয়োজন। আমরা দেখেছি, কোনো ব্যক্তি ঠাকুরের কাছে আসামাত্র তিনি তাকে এক বিশেষ দৃষ্টিতে নিরীক্ষণ করতেন। এভাবে দেখে যদি তার প্রতি তাঁর চিত্ত কিছুমাত্র আকৃষ্ট হত, তাহলে তার সঙ্গে সাধারণভাবে ধর্মালাপ শুরু করতেন এবং তাকে তাঁর কাছে যাওয়া-আসা করতে বলতেন। যত দিন যেত এবং সেই ব্যক্তি তাঁর কাছে যত যাতায়াত করতে থাকত, ততই তিনি তার অজ্ঞাতসারে তার শারীরিক অঙ্গপ্রত্যঙ্গাদির গঠনভঙ্গি, মানসিক ভাবগুলি, কাম-কাঞ্চনাসক্তি ও ভোগতৃষ্ণার পরিমাণ এবং তাঁর প্রতি তার মন কীভাবে কতটা আকৃষ্ট হয়েছে ও হচ্ছে—চালচলন ও কথাবার্তায় প্রকাশিত এই সব বিষয়ে তন্ন তন্ন লক্ষ রেখে তার অন্তর্নিহিত সুপ্ত আধ্যাত্মিকতা প্রভৃতি সম্বন্ধে একটা নিশ্চিত ধারণার দিকে এগিয়ে যেতেন। এভাবে দু-চার দিন দেখার ফলেই তিনি সেই ব্যক্তির চরিত্র সম্বন্ধে একেবারে নিঃসন্দেহ হতেন। পরে সেই ব্যক্তির অন্তরের নিগূঢ় কোনো কথা জানার প্রয়োজন হলে তিনি তাঁর যোগপ্রসূত সূক্ষ্মদৃষ্টির সাহায্যে তা জেনে নিতেন। সে সম্বন্ধে তিনি একদিন আমাদের বলেছিলেন, “রাত্রিশেষে একা থাকার সময় যখন তোদের কল্যাণ চিন্তা করতে থাকি, তখন মা (জগদম্বা) সব কথা জানিয়ে ও দেখিয়ে দেন—কে কতটা উন্নতিলাভ করল, কার কিসের জন্য (ধর্মবিষয়ে) উন্নতি হচ্ছে না, ইত্যাদি!” ঠাকুরের এই কথায় পাঠক যেন ভেবে না বসেন, তাঁর যোগদৃষ্টি কেবলমাত্র ওই সময়েই উন্মীলিত হত। তাঁর অন্যান্য কথায় বোঝা যায়, ইচ্ছা করামাত্র তিনি উচ্চ ভাবভূমিতে আরোহণ করে সব সময়েই তেমন দৃষ্টি লাভ করতে পারতেন; যথা—“কাচের আলমারির দিকে দেখলেই যেমন তার ভিতরের জিনিসগুলি চোখে পড়ে, তেমনি মানুষের দিকে তাকালেই তার অন্তরের চিন্তা, সংস্কারাদি সব বিষয় দেখতে পাই!” —ইত্যাদি।
উচ্চ অধিকারীর সঙ্গে প্রথম সাক্ষাৎকালে ঠাকুরের অনুরূপ ভাবাবেশ
ঠাকুর সাধারণত ওইভাবে লোকচরিত্র বুঝে নিলেও বিশেষ বিশেষ অন্তরঙ্গ ভক্তদের ক্ষেত্রে সেই নিয়মের অল্পবিস্তর ব্যতিক্রম হতে দেখা যায়। দেখা যায়, দৈবপ্রেরণায় উচ্চ, উচ্চতর ভাবভূমিতে অবস্থান করেই তিনি তাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিলেন। ‘লীলাপ্রসঙ্গ’-এর এক জায়গায় আমরা পাঠককে বলেছি, অদৃষ্টপূর্ব সাধনাবলে ঠাকুরের শরীর-মন, সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তি ধারণ ও জ্ঞাপনের বিচিত্র যন্ত্রস্বরূপ হয়ে উঠেছিল। এ কথা একেবারে বর্ণে বর্ণে সত্য। আমরা নিয়ত দেখতে পেতাম, যার ভিতর যেমন আধ্যাত্মিক ভাব বর্তমান থাকত তাকে দেখামাত্র তাঁর অন্তর কোনো এক দিব্য প্রেরণায় সহসা অনুরূপ ভাবে রঞ্জিত হয়ে উঠত; এবং পূর্ব কর্ম ও সংস্কারের বশে আধ্যাত্মিক রাজ্যে যে যতদূর আরূঢ় হয়েছে, তার আসামাত্রই তাঁর অন্তর স্বভাবত সেই ভূমিতে আরোহণ করে আগন্তুকের অন্তরের কথা তাঁকে জানিয়ে দিত। নরেন্দ্রনাথের প্রথম আগমনের সময়ে ঠাকুরের যে-সব উপলব্ধি আমরা এর আগে লিপিবদ্ধ করেছি, সেগুলির সাহায্যেই পাঠক আমাদের এই কথা বুঝতে পারবেন।
পরীক্ষা-প্রণালীর চার বিভাগ
তা হলেও লোকচরিত্র-পরিজ্ঞানের জন্য ঠাকুর যে সাধারণ বিধি সর্বদা অবলম্বন করতেন, তাঁর অন্তরঙ্গ ভক্তদের ক্ষেত্রে তিনি যে তা প্রয়োগ করতেন না, এমন নয়। সাধারণ ভাবভূমিতে থাকার সময়ে তাদের চালচলন, কথাবার্তা প্রভৃতি তিনি সেই বিধির সাহায্যে একইভাবে লক্ষ করতেন এবং অন্যের কথা দূরে থাক, শ্রীযুত নরেন্দ্রনাথকেও তিনি সেভাবে পরীক্ষা না করে নিশ্চিন্ত হননি। অতএব এ বিষয়ের সঙ্গে পাঠককে পরিচিত করা যে একান্ত প্রয়োজন, তা বলা বাহুল্য। ভক্তদের পরীক্ষা করার জন্য ঠাকুর যে উপায়গুলি অবলম্বন করতেন, সেগুলির মধ্যে চারটি প্রধান বিভাগ চোখে পড়ে। আমরা আগেই তার ইঙ্গিত দিয়েছি। অতএব সেই বিভাগ-চতুষ্টয়ের প্রত্যেকটির উল্লেখ করে দৃষ্টান্তের সাহায্যে এখন সেগুলি পাঠককে বুঝিয়ে বলছি:
(১) শারীরিক লক্ষণসমূহ দর্শনে অন্তরের সংস্কারনির্ণয়
১ম— শারীরিক লক্ষণগুলি দেখে ঠাকুর সমীপাগত ব্যক্তিদের অন্তরের প্রবল পূর্বসংস্কারগুলি নির্ণয় করতেন।
মনের প্রত্যেক সুব্যক্ত চিন্তা, ক্রিয়ারূপে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে এবং শরীরের বিশেষ বিশেষ স্থানে এক একটা দাগ কেটে যায়—বর্তমান যুগের শরীরবিজ্ঞান ও মনোবিজ্ঞান তা অনেকাংশে প্রমাণ করে এখন সে কথায় আমাদের শ্রদ্ধা জাগাচ্ছে। বেদপ্রমুখ শাস্ত্রগুলি কিন্তু সে কথা চিরকাল বলে এসেছেন। হিন্দুর শ্রুতি, স্মৃতি, পুরাণ, দর্শনাদি সব শাস্ত্র সমস্বরে ঘোষণা করেছেন, ‘মন সৃষ্টি করে এ শরীর’—ব্যক্তিবিশেষের অন্তরের চিন্তাপ্রবাহ কু বা সু পথে চলার সঙ্গে সঙ্গে তার শরীরও পরিবর্তিত হয়ে অনুরূপ আকার ধারণ করতে থাকে। সেইজন্য শরীর ও অঙ্গপ্রত্যঙ্গাদির গঠন দেখে লোকের চরিত্রনির্ণয় করা সম্বন্ধে অনেক প্রবাদকথা আমাদের ভিতর প্রচলিত আছে, এবং বিবাহ, দীক্ষাদান প্রভৃতি ক্ষেত্রে কন্যা ও শিষ্যের হাত-পা থেকে আরম্ভ করে সব অবয়বের এবং সর্বশরীরের গঠনপ্রকার দেখা আজ পর্যন্ত একান্ত কর্তব্য বলে গণ্য হয়ে আসছে।
এ বিষয়ে ঠাকুরের অদ্ভুত জ্ঞান
সুতরাং সর্বশাস্ত্রে বিশ্বাসবান ঠাকুর যে নিজের শিষ্যবর্গের শরীর ও অবয়বাদির গঠনপ্রকার লক্ষ করবেন, সে বিষয়ে আশ্চর্য হওয়ার কিছুই নেই। কিন্তু কথাচ্ছলে সময়ে সময়ে তিনি এ বিষয়ে এত কথা আমাদের বলে যেতেন যে, নির্বাক হয়ে আমরা চিন্তা করতাম—এ সম্বন্ধে এত অভিজ্ঞতা তিনি কোথা থেকে লাভ করলেন! ভাবতাম প্রাচীনকালে এ বিষয়ে কোনো বৃহৎ গ্রন্থ কি বিদ্যমান ছিল—যা পড়ে বা শুনে তিনি এসব কথা জানতে পেরেছেন? কিন্তু আজও তেমন কোনো গ্রন্থ চোখে দেখা দূরে থাকুক, তার নাম পর্যন্ত শুনতে না পাওয়ায় সে চিন্তা দাঁড়াবার জায়গা পায় না। সুতরাং বিস্মিত হয়ে শুনে যেতাম, ঠাকুর বলে চলেছেন—স্ত্রী বা পুরুষ-শরীরের প্রত্যেক অবয়ব ও ইন্দ্রিয়ের গঠনপ্রকার নিত্য চোখে দেখা বিশেষ বিশেষ পদার্থের গঠনের মতো হয়, আর তেমন হওয়ার ফলাফল কী। যেমন, মানুষের চোখের কথা তুলে তা কারও পদ্মপত্রের মতো, কারও বৃষের মতো, কারও যোগীর বা দেবতার মতো ইত্যাদি উল্লেখ করে বলতেন—“পদ্মপত্রের মতো চোখ যার, তার অন্তরে সদ্ভাব ও সাধুভাব থাকে; বৃষের মতো চোখ যার, তার কাম প্রবল হয়, যোগীর চোখ ঊর্ধ্বদৃষ্টিসম্পন্ন রক্তিমাভ হয়; দেবচক্ষু বেশি বড় হয় না, কিন্তু টানা বা আকর্ণবিস্তৃত হয়। কারও সঙ্গে কথাবার্তা বলার সময় মধ্যে মধ্যে তাকে অপাঙ্গে নিরীক্ষণ করা অথবা চোখের কোণ দিয়ে দেখা যাদের স্বভাব, তারা সাধারণ মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান।” অথবা শরীরের সাধারণ গঠন-প্রকারের কথা তুলে বলতেন, “ভক্তিমান ব্যক্তির শরীর স্বভাবত কোমল ও তার হস্তপদাদির গ্রন্থিগুলি শিথিল হয় (অর্থাৎ সহজে ফেরানো-ঘোরানো যায়); কৃশ হলেও তার শরীরে অস্থি, পেশি প্রভৃতি এমনভাবে বিন্যস্ত থাকে যাতে বেশি কোণ দেখা যায় না।” কাউকে বুদ্ধিমান বলে নির্ণয় করে তার বুদ্ধির স্বাভাবিক প্রবণতা সৎ বিষয়ে না অসৎ বিষয়ে, তা স্থির করতে ঠাকুর তার কনুই থেকে আঙুল পর্যন্ত হাতখানি নিজের হাতে ধরে তাকে সেটি শিথিল করে রাখতে বলতেন এবং সেটির গুরুত্ব বা ভার অনুভব করতেন; সাধারণ মানুষের হাতের ওই অংশের চেয়ে যদি সেটির ভার কম বোধ হত, তাহলে তাকে সুবুদ্ধিসম্পন্ন বলে সিদ্ধান্ত করতেন। শ্রীযুত প্রেমানন্দ স্বামীর[1] দক্ষিণেশ্বরে প্রথম আগমনের দিনে ঠাকুর তাঁর হাত ধরে এভাবে ওজন করেছিলেন, এ কথা আমরা আগে বলেছি। কিন্তু কী জন্য এমন করেছিলেন তা তিনি সেদিন না বলায় আমরাও সেখানে সে বিষয়ে কিছু বলিনি। কারও বুদ্ধি সৎ অথবা অসৎ, তা জানার জন্য যে ঠাকুর এমন করতেন, তার পরিচয় আমরা অন্য এক দিন এইভাবে পেয়েছিলাম।
হাতের ওজনের তারতম্যে সদসৎ বুদ্ধি-নির্ণয়
গলরোগে আক্রান্ত হয়ে ঠাকুর যখন কাশীপুরের বাগানে ছিলেন, সেই সময়ে লেখকের পরলোকগত কনিষ্ঠ সহোদর[2] একদিন তাঁকে দর্শন করতে সেখানে এসেছিল। ঠাকুর তাকে দেখে সেদিন বিশেষ প্রসন্ন হয়েছিলেন এবং কাছে বসিয়ে তাকে নানা কথা জিজ্ঞাসা করে ধর্মবিষয়ক নানা উপদেশ দিয়েছিলেন। সেই সময়ে লেখক সেখানে এলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, “ছেলেটি তোর ভাই?” লেখক সে কথায় হ্যাঁ বলায় আবার বললেন, “বেশ ছেলে, তোর চেয়ে এর বুদ্ধি বেশি; দেখি সদ্বুদ্ধি কি অসদ্বুদ্ধি”—বলেই তার ডান হাতের ওই অংশ ধরে ওজন করতে করতে বললেন, “সদ্বুদ্ধি”। পরে লেখককে পুনরায় প্রশ্ন করলেন, (কনিষ্ঠকে দেখিয়ে) “ইহাকেও টানব না কি রে? (এর মনকে সংসারের প্রতি উদাসীন করে ঈশ্বরমুখী করে দেব না কি) কী বলিস?” লেখক বলল, “বেশ তো মহাশয়, তাই করুন।” ঠাকুর তা শুনে ক্ষণকাল চিন্তা করে বললেন, “না—থাক; একটাকে নিয়েছি, আবার এটাকেও নিলে তোর বাপ-মার বড় কষ্ট হবে—বিশেষতঃ তোর মার; জীবনে অনেক শক্তিকে[3] রুষ্টা করেছি, এখন আর কাজ নাই।” এই বলে ঠাকুর ছেলেটিকে সদুপদেশ দিয়ে ও কিছু জলযোগ করিয়ে সেদিন বিদায় দিলেন।
শারীরিক নিত্যক্রিয়াগুলির বিভিন্নতায় সংস্কার-ভিন্নতার সূচনা
ঠাকুর বলতেন, শরীরের অবয়বাদির গঠনপ্রকারের মতো নিদ্রা শৌচাদি শারীরিক সামান্য ক্রিয়াগুলিও ভিন্ন ভিন্ন সংস্কারসম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন রকমের হয়ে থাকে। সেইজন্য বহুদর্শী ব্যক্তিরা সেগুলি থেকেও ব্যক্তিবিশেষের চরিত্রনির্ণয়ের ইঙ্গিত পেয়ে থাকেন। যেমন, ঘুমোবার সময় সকলের নিঃশ্বাস একইভাবে পড়ে না, ভোগীর একভাবে এবং ত্যাগীর অন্যভাবে পড়ে; শৌচে যাওয়ার সময় ভোগীর মূত্রের ধারা বাঁ দিকে হেলে যায় এবং ত্যাগীর ডান দিকে হেলে পড়ে। যোগীর মল শূকরে স্পর্শ করে না—ইত্যাদি।
দ্বারবান হনুমান সিং
ওই বিষয়ে একটি ঘটনাও ঠাকুর আমাদের বলেছিলেন। হনুমান সিং নামে এক ব্যক্তি মথুরবাবুর আমলে দক্ষিণেশ্বরে মন্দির-রক্ষার কাজে নিযুক্ত হয়েছিল। দ্বারবানদের একজন হলেও হনুমান সিং-এর মর্যাদা বেশি ছিল। কারণ, সে কেবল একজন প্রসিদ্ধ পালোয়ানই ছিল না, একজন নিষ্ঠাবান ভক্তসাধকও ছিল। মহাবীরমন্ত্রের উপাসক হনুমান সিংকে মল্লযুদ্ধে পরাস্ত করে তার পদ নেওয়ার ইচ্ছায় অন্য একজন পালোয়ান একসময়ে দক্ষিণেশ্বরে এসেছিল। তার প্রকাণ্ড দেহ ও শারীরিক বল প্রভৃতি দেখেও হনুমান তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে পিছপা হল না। দিন স্থির হল এবং মথুরবাবু প্রমুখ ব্যক্তিরা দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ, তা বিচার করার ভার পেলেন।
প্রতিযোগিতার দিনের এক সপ্তাহ আগে থেকে নবাগত মল্ল রাশি রাশি পুষ্টিকর খাবার খেতে আর ব্যায়াম প্রভৃতি অভ্যাস করতে লেগে রইল। হনুমান সিং কিন্তু তা না করে রোজ যেমন করত সেইভাবে প্রাতঃস্নান করে সমস্ত দিন ইষ্টমন্ত্র জপ করে এবং দিনান্তে একবার মাত্র খেয়ে কাটাতে লাগল। সকলে ভাবল, হনুমান ভয় পেয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতায় জয়ের আশা ছেড়ে দিয়েছে। ঠাকুর তাকে ভালোবাসতেন, সেজন্য প্রতিযোগিতার আগের দিন তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি ব্যায়াম ও পুষ্টিকর আহারাদি দিয়ে শরীরকে প্রস্তুত করে নিলে না, নতুন মল্লের সঙ্গে প্রতিযোগিতায় পারবে কি?” হনুমান ভক্তিভরে প্রণাম করে বলল, “আপনার কৃপা থাকে তো আমি নিশ্চয় জয়লাভ করব; কতকগুলো আহার করলেই শরীরে বলাধান হয় না, তা হজম করা চাই; আমি গোপনে নবাগত মল্লের মল দেখে বুঝেছি, সে হজমশক্তির অতিরিক্ত আহার করছে।” ঠাকুর বলতেন, প্রতিযোগিতার দিনে হনুমান সিং সত্যি সত্যিই সেই ব্যক্তিকে মল্লযুদ্ধে পরাস্ত করেছিল!
শারীরিক অবয়বগঠন ও ক্রিয়াদর্শনে বিদ্যা ও অবিদ্যাশক্তির নির্ণয়
পুরুষ-শরীরের মতো স্ত্রী-শরীরের অবয়বগুলির গঠনপ্রকার সম্বন্ধেও ঠাকুর অনেক কথা বলতেন এবং সেগুলি লক্ষ করে রমণীদের কাউকে কাউকে দেবীভাবসম্পন্ন বা বিদ্যাশক্তি এবং কাউকে কাউকে আসুরীভাবাপন্ন বা অবিদ্যাশক্তি বলে চিহ্নিত করতেন। বলতেন—“ভোজন, নিদ্রা ও ইন্দ্রিয়াসক্তি বিদ্যাশক্তিদের স্বভাবত অল্প হয়ে থাকে। স্বামীর সঙ্গে ঈশ্বরীয় কথা শ্রবণ ও আলাপ করতে তাঁদের প্রাণে বিশেষ উল্লাস জাগে। উচ্চ আধ্যাত্মিক প্রেরণা দিয়ে এঁরা নীচ প্রবৃত্তি ও হীন কাজের হাত থেকে পতিকে সর্বদা রক্ষা করে থাকেন এবং পরিণামে ঈশ্বর লাভ করে যাতে তিনি নিজের জীবন ধন্য করতে পারেন, সে বিষয়ে তাঁকে সবদিক দিয়ে সহায়তা করেন। অবিদ্যাশক্তিদের স্বভাব ও কাজ সম্পূর্ণ বিপরীত হয়ে থাকে। আহার-নিদ্রাদি শারীরিক সব ব্যাপার তাদের বেশি হতে দেখা যায়, এবং তার সুখসম্পাদন ছাড়া অন্য কোনো বিষয়ে পতি যাতে মনোনিবেশ না করেন, সেটাই তাদের প্রধান লক্ষ্য হয়। পতি এদের কাছে পারমার্থিক বিষয়ে আলাপ করলে এরা রুষ্ট ছাড়া কখনও তুষ্ট হয় না।” যে ইন্দ্রিয়বিশেষের সাহায্যে রমণীরা মাতৃত্বপদ-গৌরব লাভ করে থাকেন, তার বাহ্যিক আকার থেকে অন্তরের ভোগাসক্তির পরিচয় পাওয়া যায় বলে ঠাকুর কখনও কখনও উল্লেখ করতেন। বলতেন, তা নানা আকারের হয়ে থাকে। তার মধ্যে কোনো কোনো আকার পাশব প্রবৃত্তির স্বল্পতার বিশেষ পরিচায়ক। আবার বলতেন, যাদের পশ্চাদ্ভাগ পিঁপড়ের মতো উঁচু তাদের অন্তরে সেই প্রবৃত্তি প্রবল থাকে।
নরেন্দ্রের শারীরিক লক্ষণ সম্বন্ধে ঠাকুরের কথা
এভাবে শরীরের গঠনপ্রকার দেখে মানবের প্রকৃতি নিরূপণ করা সম্বন্ধে কত কথা ঠাকুর আমাদের বলেছিলেন, তার ইয়ত্তা নেই। লোকচরিত্র-পরিজ্ঞানের অন্যতম উপায় বলে তিনি তা সর্বদা গণ্য করতেন এবং নরেন্দ্রনাথ প্রমুখ সব ভক্তকেই তার সাহায্যে অল্পবিস্তর পরীক্ষা করে নিয়েছিলেন। এভাবে পরীক্ষা করে সন্তুষ্ট হয়ে তিনি নরেন্দ্রনাথকে একদিন বলেছিলেন, “তোর শরীরের সব জায়গাই সুলক্ষণাক্রান্ত, কেবল দোষের মধ্যে ঘুমোবার সময় নিঃশ্বাসটা কিছু জোরে পড়ে। যোগীরা বলেন, অত জোরে নিঃশ্বাস পড়লে অল্পায়ু হয়।”
(২) সামান্য কাজে প্রকাশিত মানসিক ভাব দ্বারা এবং (৩) তেমন কাজে প্রকাশিত কামকাঞ্চনাসক্তির তারতম্য বুঝে অন্তরের সংস্কার-নিরূপণ
২য় ও ৩য়—সামান্য সামান্য কাজে প্রকাশিত মানসিক ভাব ও কামকাঞ্চনাসক্তির প্রতি লক্ষ রাখাকেই ঠাকুর ব্যক্তিবিশেষের স্বাভাবিক প্রকৃতি-পরিজ্ঞানের দ্বিতীয় ও তৃতীয় উপায় বলে গণ্য করতেন। কেউ দক্ষিণেশ্বরে প্রথম আসার পর থেকে ঠাকুর তার সম্বন্ধে ওই বিষয়গুলি কিছুকাল নীরবে শুধু লক্ষ করে যেতেন। পরে তাকে নিজের মণ্ডলীর মধ্যে গ্রহণ করবেন বলে যেদিন স্থির করতেন, সেদিন থেকে নানাভাবে উপদেশ দান করে এবং আবশ্যক হলে কখনও কখনও মিষ্ট তিরস্কার করে তার সেই দোষগুলি ছাড়াতে চেষ্টা করতেন। আবার মণ্ডলীর মধ্যে গ্রহণ করে তাকে সন্ন্যাসী অথবা গৃহস্থ, কোন ভাবে জীবন গড়তে শিক্ষা দেবেন, তাও তিনি আগে থেকে স্থির করে নিতেন। সেজন্য সমীপাগত ব্যক্তিকে তিনি প্রথমেই প্রশ্ন করতেন—সে বিবাহিত কি না, তার বাড়িতে মোটা ভাতকাপড়ের অভাব আছে কি না, অথবা সে সংসার ত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হয়ে পরিবারবর্গের ভরণপোষণের ভার নিতে পারবে এমন কোনো নিকট আত্মীয় আছে কি না।
বালকদের সম্বন্ধে ঠাকুরের ধারণা
বিদ্যালয়ের ছাত্রদের উপর ঠাকুরের বিশেষ কৃপা সর্বদা লক্ষ করা যেত। বলতেন, “এদের মন এখনও স্ত্রী-পুত্র মান-যশাদির ভিতর ছড়িয়ে পড়েনি, (উপযুক্ত শিক্ষা পেলে) এরা সহজেই ষোলো আনা মন ঈশ্বরে দিতে পারবে।” সেইজন্য এদের ভিতরে ধর্মভাব প্রবেশ করিয়ে দিতে তিনি বিশেষ যত্নবান ছিলেন। নানা দৃষ্টান্তের সাহায্যে তিনি তাঁর ওই মত প্রকাশ করতেন। বলতেন, “মন সরিষার পুঁটুলির মতো, একবার ছড়িয়ে পড়লে তার সব দানাগুলি একত্র করা এক রকম অসম্ভব”, “কাঁটি উঠলে পাখিকে ‘রাধাকৃষ্ণ’ নাম বলানো দুঃসাধ্য”—“কাঁচা টালির উপরে গরুর খুরের ছাপ পড়লে সহজেই মুছে ফেলা যায়, কিন্তু টালি পোড়াবার পরে সেই ছাপ আর তুলে ফেলা যায় না” ইত্যাদি। সেই কারণে সংসারানভিজ্ঞ বিদ্যালয়ের ছাত্রদেরই তিনি বিশেষভাবে প্রশ্ন করে বুঝে নিতেন, তাদের মনের স্বাভাবিক গতি প্রবৃত্তির দিকে না নিবৃত্তির দিকে, এবং উপযুক্ত দেখলে তাদের নিবৃত্তির পথে পরিচালিত করতেন।
সমীপাগত ভক্তদের প্রতিটি কাজ লক্ষ করা
এভাবে কথাপ্রসঙ্গে নানাভাবে প্রশ্ন করে ব্যক্তিবিশেষের মনের ভাব জেনেই তিনি ক্ষান্ত থাকতেন না; সে ব্যক্তি কতটা সরল ও সত্যনিষ্ঠ, মুখে যা বলে কাজে সে তার কতটা পালন করে, বিচার করে সে প্রতিটি কাজ করে কি না, যে উপদেশ পেয়েছে তার ধারণাই বা সে কতটা ও কীভাবে করছে—এমন নানা বিষয়ও তার প্রতিটি কাজে তন্ন তন্ন করে অনুসন্ধান করতেন। কয়েকটি দৃষ্টান্ত দিলেই পাঠক এ বিষয় বুঝতে পারবেন।
এ বিষয়ের দৃষ্টান্ত
একটি বালক কয়েকদিন দক্ষিণেশ্বরে যাতায়াত করার পরে তিনি একদিন তাকে সহসা বলে বসলেন, “তুই বিবাহ করিস না কেন?” সে উত্তর দিল, “মহাশয়, মন বশীভূত হয়নি, এখন বিবাহ করলে স্ত্রীর প্রতি আসক্তিতে হিতাহিত-বিবেচনাশূন্য হতে হবে, যদি কখনও কামজিৎ হতে পারি তখন বিবাহ করব।” ঠাকুর বুঝলেন, অন্তরে আসক্তি প্রবল থাকলেও বালকের মন নিবৃত্তিমার্গের দিকে আকৃষ্ট হয়েছে; তাই হাসতে হাসতে বললেন, “যখন কামজিৎ হবি তখন আর বিবাহ করার আবশ্যকতা থাকবে না।”
একটি বালকের সঙ্গে একদিন দক্ষিণেশ্বরে নানা বিষয়ের কথা কইতে কইতে বললেন, “এটা কী বল দেখি? কোমরে কিছুতেই (সর্বদা) কাপড় রাখতে পারি না—থাকে না, কখন খুলে পড়ে গেছে জানতেও পারি না! বুড়ো মিনসে উলঙ্গ হয়ে বেড়াই! কিন্তু লজ্জাও হয় না! পূর্বে পূর্বে কে দেখচে না দেখচে সে কথার এককালে হুঁশ থাকত না—এখন যারা দেখে তাদের কারও কারও লজ্জা হয় বুঝে কোলের উপর কাপড়খানা ফেলে রাখি। তুই লোকের সামনে আমার মতো (উলঙ্গ) হয়ে বেড়াতে পারিস?” সে বলল, “মহাশয়, ঠিক বলতে পারি না, আপনি আদেশ করলে বস্ত্রত্যাগ করতে পারি।” তিনি বললেন, “কই যা দেখি, মাথায় কাপড়খানা জড়িয়ে ঠাকুরবাড়ির উঠানে একবার ঘুরে আয় দেখি।” বালক বলল, “তা করতে পারব না, কিন্তু কেবলমাত্র আপনার সামনে ওরকম করতে পারি।” ঠাকুর তার কথা শুনে বললেন, “ও কথা আরও অনেকে বলে—বলে, ‘তোমার সামনে পরিধানের কাপড় ফেলে দিতে লজ্জা করে না, কিন্তু অপরের সামনে করে’!”
গঙ্গায় বান
ঠাকুরের বসনত্যাগের কথাপ্রসঙ্গে অন্য একদিনের ঘটনা আমাদের মনে আসছে। জ্যোৎস্না-বিধৌতা যামিনী, বোধ হয় সেদিন কৃষ্ণপক্ষের দ্বিতীয়া বা তৃতীয়া হবে। রাতে শোয়ার অল্পক্ষণ পরেই গঙ্গায় বান এসে পড়ল। ঠাকুর বিছানা ছেড়ে উঠে ‘ওরে, বান দেখবি আয়’ বলে সকলকে ডাকতে ডাকতে পোস্তার উপরে ছুটলেন এবং নদীর শান্ত শুভ্র জলরাশি ফেনশীর্ষ উত্তাল তরঙ্গাকারে পরিণত হয়ে উন্মত্তের মতো বিপরীত দিকে প্রচণ্ডবেগে এসে পোস্তার উপরে লাফিয়ে উঠছে দেখে বালকের মতো আনন্দে নৃত্য করতে লাগলেন। ঠাকুর যখন আমাদের ডাকলেন তখন আমাদের তন্দ্রা এসেছে, তার ঘোরে উঠে পরনের কাপড়চোপড় সামলে তাঁর পিছন পিছন যেতে সামান্য দেরি হয়েছিল। সুতরাং আমরা পোস্তায় পৌঁছোতে না পৌঁছোতেই বান চলে গেল, কেউ তার সামান্য দর্শন পেল, কেউ বা তাও পেল না। ঠাকুর এতক্ষণ নিজের আনন্দেই বিভোর ছিলেন, বান চলে গেলে আমাদের দিকে ফিরে বললেন, “কী রে, কেমন বান দেখলি?” এবং আমরা কাপড় পরতে পরতেই বান চলে গিয়েছে শুনে বললেন, “দূর শালারা, তোদের কাপড় পরবার জন্য কি বান অপেক্ষা করবে? আমার মতো কাপড় ফেলে চলে এলি না কেন?”
ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য বুঝে সব কর্মের অনুষ্ঠান
‘বিবাহ করার ইচ্ছা আছে কি না’, ‘চাকরি করবি কি না’—ঠাকুরের এই সব প্রশ্নের উত্তরে আমাদের কেউ কেউ বলত, “বিবাহ করতে ইচ্ছা নেই, মহাশয়, কিন্তু চাকরি করতে হবে।” অশেষ স্বাধীনতাপ্রিয় ঠাকুরের কাছে কিন্তু সে কথা বিষম বিসদৃশ লাগত। তিনি বলতেন, “যদি বিবাহ করে সংসারধর্ম পালনই করবি না, তবে আজীবন অপরের চাকর হয়ে থাকবি কেন?” ষোলো-আনা মনপ্রাণ ঈশ্বরে সমর্পণ করে তাঁর উপাসনা কর—সংসারে জন্ম নিয়ে মানুষের তার চেয়ে মহৎ কাজ অন্য কিছুই আর হতে পারে না এবং তা করা একান্ত অসম্ভব বুঝলে বিবাহ করে ঈশ্বরলাভকেই জীবনের চরম উদ্দেশ্য বলে স্থির করে সৎপথে থেকে সংসারযাত্রা নির্বাহ কর—এটাই তাঁর মত ছিল। সেইজন্য আধ্যাত্মিক রাজ্যে যাদের তিনি উত্তম বা মধ্যম অধিকারী বলে বুঝতে পারতেন তাদের কেউ বিবাহ করেছে অথবা বিশেষ কারণ ছাড়া সাধারণ মানুষের মতো অর্থোপার্জনের জন্য চাকরি নিয়ে বা নাম-যশের প্রত্যাশায় সংসারের অন্য কোনো রকম কাজে নিযুক্ত হয়ে নিজের শক্তি ক্ষয় করছে শুনলে তিনি প্রাণে বিষম আঘাত পেতেন। তাঁর বালকভক্তদের মধ্যে একজন[4] চাকরি নিয়েছে শুনে তিনি তাকে একদিন বলেছিলেন, “তুই তোর বুড়ো মায়ের ভরণপোষণের জন্য করছিস তাই, নইলে চাকরি নিয়েছিস শুনলে তোর মুখ দেখতে পারতাম না।” অপর একজন[5] বিবাহ করে কাশীপুরের বাগানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে, যেন তিনি পুত্রশোক পেয়েছেন এইভাবে তার গলা ধরে অঝোরে কাঁদতে কাঁদতে বারবার বলেছিলেন, “ঈশ্বরকে ভুলে যেন একেবারে (সংসারে) ডুবে যাসনি!”
সরল ঈশ্বরবিশ্বাস ও নির্বুদ্ধিতা ভিন্ন পদার্থ, সদসদ্বিচারসম্পন্ন হতে হবে
বিশ্বাস ছাড়া ধর্মপথে অগ্রসর হওয়া যায় না—নবানুরাগের প্রেরণায় সে কথার বিপরীত অর্থ নিয়ে আমাদের মধ্যে কেউ কেউ তখন যাতে তাতে এবং যাকে তাকে বিশ্বাস করতে শুরু করত। ঠাকুরের তীক্ষ্ণদৃষ্টি তার উপর পড়ামাত্র তিনি তা বুঝে তাকে সাবধান করে দিতেন। বাস্তবিক, বিশ্বাসকে অবলম্বন করে ধর্মপথে অগ্রসর হতে বললেও তিনি কাউকে কোনো দিন সদসৎ বিচার ত্যাগ করতে বলেননি। সদসদ্বিচারসম্পন্ন হয়ে ধর্মপথে অগ্রসর হবে এবং ইষ্টানিষ্ট বিচার না করে সাংসারিক কোনো কাজেও হাত দেবে না, এটাই তাঁর মত ছিল বলে আমাদের ধারণা। তাঁর আশ্রিতবর্গের মধ্যে একজন[6] একদিন দোকানিকে ধর্মভয় দেখিয়ে বাজার থেকে একখানি লোহার কড়া কিনে বাড়িতে ফিরে এসে দেখলেন, দোকানি তাঁকে ফাটা কড়া দিয়েছে! ঠাকুর সে কথা জানতে পেরে তাঁকে তিরস্কার করে বলেছিলেন, “(ঈশ্বর-) ভক্ত হতে হবে বলে কি নির্বোধ হতে হবে? দোকানি কি দোকান ফেঁদে ধর্ম করতে বসেছে, যে তুই তার কথায় বিশ্বাস করে কড়াখান একবার না দেখেই নিয়ে চলে এলি? আর কখনও ওরকম করবি না। কোনো জিনিস কিনতে হলে পাঁচ দোকান ঘুরে তার উচিত দাম জানবি, জিনিসটি নেওয়ার সময় বিশেষ করে পরীক্ষা করবি, আবার যে-সব জিনিসের ফাউ পাওয়া যায় তার ফাউটি পর্যন্ত না নিয়ে চলে আসবি না।”
অধিকারিভেদে ঠাকুরের দয়াবান ও নির্মম হওয়ার উপদেশ
ধর্মলাভ করতে এসে কারও কারও প্রকৃতিতে দয়ার ভাবটি এত বেশি বেড়ে ওঠে যে, পরিণামে সেটাই তার বন্ধনের এবং কখনও কখনও ধর্মপথ থেকে ভ্রষ্ট হওয়ার কারণ হয়ে পড়ে। কোমল-হৃদয় নরনারীই অনেক সময় তেমন হয়ে থাকে। ঠাকুর সেইজন্য এইরকম নরনারীকে কঠোর হওয়ার জন্য এবং তার বিপরীত প্রকৃতিবিশিষ্টদের কোমল হতে সর্বদা উপদেশ দিতেন। আমাদের মধ্যে একজনের[7] হৃদয় অতি কোমল ছিল। বিশেষ কারণ থাকলেও তাঁকে ক্রুদ্ধ হতে বা রূঢ় কথা বলতে আমরা কখনও দেখেছি কি না সন্দেহ। সম্পূর্ণ প্রকৃতিবিরুদ্ধ হলেও এবং বিন্দুমাত্র ইচ্ছা না থাকলেও মায়ের চোখের জল সইতে না পেরে তিনি সহসা একদিন নিজেকে বিবাহবন্ধনে আবদ্ধ করেছিলেন। ঠাকুরের আশ্রয় এবং আশ্বাসবাক্যই সে যাত্রায় তাঁকে সেই কাজের জন্য প্রাণের দারুণ অনুতাপ ও হতাশা থেকে রক্ষা করেছিল। এমন অযথা কোমলতা ও দয়ার ভাব সংযত করে যাতে তিনি প্রতিটি কাজ বিচার করে সম্পাদন করেন সে বিষয়ে ঠাকুরের বিশেষ দৃষ্টি ছিল। সামান্য সামান্য বিষয় ধরে ঠাকুর কীভাবে তাঁকে শিক্ষা দিতেন, দু-একটি ঘটনার কথা বললেই তা বোঝা যাবে। ঠাকুরের কাপড়চোপড় যাতে রাখা হত তাতে একটি আরশোলা বাসা করেছে, একদিন দেখতে পাওয়া গেল। ঠাকুর বললেন, “আরশোলাটাকে ধরে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেল।” ওই ব্যক্তি সেই আদেশ পেয়ে আরশোলাটাকে ধরে বাইরে নিয়ে গেলেন, কিন্তু না মেরে ছেড়ে দিয়ে এলেন। আসামাত্র ঠাকুর তাঁকে প্রশ্ন করলেন, “কী রে, আরশোলাটাকে মেরে ফেলেছিস তো?” তিনি অপ্রতিভ হয়ে বললেন, “না মহাশয়, ছেড়ে দিয়েছি।” ঠাকুর তা শুনে তাঁকে ভর্ৎসনা করে বললেন, “আমি তোকে মেরে ফেলতে বললাম, তুই কি না সেটাকে ছেড়ে দিলি! যেমনটি করতে বলব ঠিক তেমনি করবি, নইলে ভবিষ্যতে গুরুতর বিষয়গুলিতেও নিজের মতে চলে পশ্চাত্তাপ করতে হবে।”
স্বামী যোগানন্দকে এ বিষয়ের শিক্ষা
কলিকাতা থেকে গহনার নৌকায় করে দক্ষিণেশ্বরে আসার সময় শ্রীযুত যোগেন একদিন অন্য এক আরোহী জিজ্ঞাসা করায় বলেছিলেন, তিনি রানী রাসমণির কালীবাড়িতে ঠাকুরের কাছে যাচ্ছেন। সে কথা শুনেই সেই ব্যক্তি অকারণে ঠাকুরের নিন্দা করে বলতে লাগল, “ঐ এক ঢং আর কী; ভাল খাচ্চেন, গদিতে শুচ্চেন আর ধর্মের ভান করে যত সব স্কুলের ছেলের মাথা খাচ্চেন” ইত্যাদি। এমন সব কথা শুনে যোগেন মর্মাহত হলেন; ভাবলেন, তাকে দু-চারটি কথা শুনিয়ে দেন। পরক্ষণেই নিজের শান্ত প্রকৃতির প্রেরণায় তাঁর মনে হল, ঠাকুরের প্রকৃত পরিচয় পাওয়ার কিছুমাত্র চেষ্টা না করে কত লোকে কতরকম বিপরীত ধারণা করছে, নিন্দাবাদ করছে, তিনি তার কী করতে পারেন। এই ভেবে তিনি সেই ব্যক্তির কথার কিছুমাত্র প্রতিবাদ না করে মৌন হয়ে রইলেন এবং ঠাকুরের কাছে এসে কথাপ্রসঙ্গে সেই ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করলেন। যোগেন ভেবেছিলেন, নিরভিমান ঠাকুর—যাঁকে স্তুতি-নিন্দায় কেউ কখনও বিচলিত হতে দেখেনি—সে কথা শুনে হেসে উড়িয়ে দেবেন। ফল কিন্তু অন্যরকম হল। ঠাকুর সেই ঘটনা ভিন্ন আলোয় দেখে যোগেনের ওই আচরণ নিয়ে বলে বসলেন, “আমার অযথা নিন্দা করল, আর তুই কি না তা চুপ করে শুনে এলি! শাস্ত্রে কী আছে জানিস? —গুরুনিন্দাকারীর মাথা কেটে ফেলবে, অথবা সেই স্থান পরিত্যাগ করবে। তুই মিথ্যা রটনার একটা প্রতিবাদও করলি না!”
তেমন ঘটনায় নিরঞ্জনকে ঠাকুরের অন্যরকম উপদেশ
এরকম অন্য একটি ঘটনার কথা এখানে বললেই পাঠক বুঝতে পারবেন, ঠাকুরের শিক্ষা কতটা ব্যক্তিবিশেষের প্রকৃতি অনুসারে হত। শ্রীযুত নিরঞ্জনের প্রকৃতি ছিল স্বভাবতই উগ্র। গহনার নৌকায় করে একদিন দক্ষিণেশ্বরে আসার সময় আরোহীদের ওইভাবে ঠাকুরের অযথা নিন্দাবাদ করতে শুনে তিনি প্রথমে তার তীব্র প্রতিবাদ শুরু করলেন এবং তাতে তারা নিরস্ত না হওয়ায় বিষম ক্রুদ্ধ হয়ে নৌকা ডুবিয়ে দিয়ে তার প্রতিশোধ নিতে গেলেন। নিরঞ্জনের শরীর বিশেষ দৃঢ় ও বলিষ্ঠ ছিল এবং তিনি সাঁতারে বিলক্ষণ পটু ছিলেন। তাঁর ক্রোধদৃপ্ত মূর্তির সামনে সকলে ভয়ে জড়সড় হয়ে গেল এবং অশেষ অনুনয় বিনয় ও ক্ষমা প্রার্থনা করে নিন্দাকারীরা তাঁকে সেই কাজ থেকে নিরস্ত করল। ঠাকুর সে কথা পরে জানতে পেরে তাঁকে তিরস্কার করে বলেছিলেন, “ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে? সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো, হয়েই মিলিয়ে যায়। হীনবুদ্ধি লোকে কত কী অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ-বিসংবাদ করতে গেলে তাতেই জীবনটা কাটাতে হয়! ওরকম ক্ষেত্রে ভাববি লোক না পোক্ (কীট) এবং তাদের কথা উপেক্ষা করবি। ক্রোধের বশে কী অন্যায় করতে যাচ্ছিলি ভাব দেখি! দাঁড়ি-মাঝিরা তোর কী অপরাধ করেছিল যে, সেই গরিবদের উপরেও অত্যাচার করতে গিয়েছিলি!”
স্ত্রী-ভক্তদেরও ঠাকুরের সেভাবে শিক্ষাদানের দৃষ্টান্ত
পুরুষদের মতো স্ত্রী-ভক্তদেরও ঠাকুর স্বাভাবিক প্রকৃতি বুঝে সেইমতো উপদেশ দিতেন। আমাদের মনে পড়ে, বিশেষ কোমলস্বভাবা কোনো রমণীকে একদিন তিনি এই কথাগুলি বলে সতর্ক করে দিয়েছিলেন—“যদি বোঝ তোমার পরিচিত কোনো ব্যক্তি অশেষ আয়াস স্বীকার করে তোমাকে সব বিষয়ে সহায়তা করলেও নিজের দুর্বল চিত্তকে রূপজ মোহ থেকে সংযত করতে না পেরে তোমার জন্য কষ্টভোগ করছে, সে ক্ষেত্রে তোমার কি তার প্রতি দয়া প্রকাশ করতে হবে, অথবা কঠোরভাবে তার বুকে পদাঘাত করে চলে এসে চিরকালের মতো তার কাছ থেকে দূরে থাকতে হবে? অতএব বোঝ, যখন-তখন যেখানে-সেখানে যাকে-তাকে দয়া করা চলে না। দয়াপ্রকাশের একটা সীমা আছে, দেশ-কাল-পাত্রভেদে তা কর্তব্য।”
হরিশের কথা
এই প্রসঙ্গে অন্য একটি কথা আমাদের মনে আসছে। হরিশ বলিষ্ঠ যুবা পুরুষ। বাড়িতে সুন্দরী স্ত্রী, শিশুপুত্র এবং মোটা ভাত-কাপড়ের সংস্থান ছিল। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে কয়েকবার আসতে-না-আসতে তার মন বিশেষভাবে বৈরাগ্যপ্রবণ হয়ে উঠল! তার সরল স্বভাব, একনিষ্ঠা এবং শান্তভাব দেখে ঠাকুরও তার প্রতি প্রসন্ন হয়ে তাকে আশ্রয় দিলেন। তখন থেকে ঠাকুরের সেবায় ও ধ্যানজপে রত হয়ে হরিশ দক্ষিণেশ্বরেই অধিকাংশ সময় কাটাতে লাগল। অভিভাবকদের তাড়না, শ্বশুরবাড়ির সাদর আহ্বান, স্ত্রীর কান্না কিছুতেই তাকে বিচলিত করতে পারল না। সে কারও কথায় ভ্রূক্ষেপ না করে এক রকম মৌনাবলম্বন করে নিজের গন্তব্য পথে অগ্রসর হতে লাগল। ঠাকুর তার শান্ত একনিষ্ঠ প্রকৃতির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মধ্যে মধ্যে বলতেন, “মানুষ যারা, জ্যান্তে মরা—যেমন হরিশ!”
‘দয়াপ্রকাশের স্থান এটা নয়’
একদিন খবর এল, হরিশ সংসারের সব কাজ ছেড়ে সাধনভজন নিয়ে আছে বলে বাড়ির সকলে বিশেষ সন্তপ্ত হয়েছে এবং তার স্ত্রী তাকে বহুকাল দেখতে না পেয়ে শোকে অধীর হয়ে এক রকম অন্নজল ত্যাগ করেছে। হরিশ সে কথা শুনে আগের মতো নীরব রইল। কিন্তু ঠাকুর তার মন জানার জন্য তাকে বিরলে ডাকিয়ে বললেন, “তোর স্ত্রী অত কাতর হয়েছে, তা তুই একবার বাড়িতে গিয়ে তাকে দেখা দিয়ে আয় না কেন? তাকে দেখার কেউ নেই বললেই হয়,[8] তার উপরে একটু দয়া করলে ক্ষতি কী?” হরিশ সকাতরে বলল, “মহাশয়, দয়াপ্রকাশের স্থান এটা নয়। এ ক্ষেত্রে দয়া করতে গেলে মায়ামোহে অভিভূত হয়ে জীবনের প্রধান কর্তব্য ভুলে যাওয়ার সম্ভাবনা। আপনি এমন আদেশ করবেন না।” ঠাকুর তার সেই কথায় পরম প্রসন্ন হয়েছিলেন এবং সেই থেকে হরিশের ওই কথাগুলি মধ্যে মধ্যে আমাদের কাছে উল্লেখ করে তার বৈরাগ্যের প্রশংসা করতেন।
দৈনিক সামান্য কাজগুলি লক্ষ করে বিভিন্ন ব্যক্তিকে উপদেশ প্রদান
সামান্য সামান্য দৈনিক কাজগুলির উপর লক্ষ রেখে ঠাকুর এভাবে আমাদের অন্তরের দোষ-গুণ জেনে নিতেন, তার বহু দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। নিরঞ্জনকে বেশি পরিমাণে ঘি খেতে দেখে বলেছিলেন, “অত ঘি খাওয়া! —শেষে কি লোকের ঝি-বউ বার করবি?” একজন বেশি ঘুমোত বলে ঠাকুর কিছুকাল তার উপর অসন্তুষ্ট ছিলেন। চিকিৎসাশাস্ত্র-অধ্যয়নের ঝোঁকে পড়ে একজন তাঁর নিষেধ অবহেলা করায় বলেছিলেন, “কোথায় একে একে বাসনা ত্যাগ করবি তা নয়, বাসনা-জাল বাড়াচ্ছিস, তাহলে আধ্যাত্মিক উন্নতিলাভ আর কেমন করে হবে?” অন্য প্রসঙ্গে এমন অনেক দৃষ্টান্ত আমরা এর আগে সময়ে সময়ে পাঠকের নজরে এনেছি, সুতরাং এ বিষয়ে এখানে বেশি কথা বলা নিষ্প্রয়োজন।
(৪) তাঁর মধ্যে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক প্রকাশ উপলব্ধি করার দিকে ব্যক্তিবিশেষ কতদূর অগ্রসর হচ্ছে ঠাকুরের তা লক্ষ করা
আগে বলা উপায়গুলির সাহায্যে আশ্রিত ব্যক্তিদের স্বাভাবিক প্রকৃতি জেনে তার দোষের দিকটা ধীরে ধীরে পরিবর্তনের শুধু চেষ্টা করেই ঠাকুর ক্ষান্ত হতেন না—সেই উদ্দেশ্য কতটা সিদ্ধ হল তাও বারবার অনুসন্ধান করতেন। তা ছাড়া তেমন কোনো ব্যক্তির আধ্যাত্মিক উন্নতির পরিমাপ করার জন্য তাঁকে এক বিশেষ উপায় সর্বদা অবলম্বন করতে দেখা যেত। উপায়টি এই:
৪র্থ— ব্যক্তিবিশেষ তাঁর কাছে প্রথম আসার সময় যে শ্রদ্ধা বা ভক্তিভাবের প্রেরণায় আসত, সেই ভাবটি দিন দিন বাড়ছে কি না তা অনুসন্ধান করা ঠাকুরের রীতি ছিল। তা জানার জন্য তিনি কখনও কখনও নিজের আধ্যাত্মিক অবস্থা বা আচরণবিশেষের সম্বন্ধে সেই ব্যক্তি কতটা ও কীভাবে বুঝছে তা জিজ্ঞাসা করতেন, কখনও বা তাঁর সব কথায় সে সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে কি না তা লক্ষ করতেন, আবার কখনও বা নিজের সংঘের মধ্যে যাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশলে তার ভাব গভীর হবে, তাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া প্রভৃতি নানা উপায়ে তাকে সহায়তা করতেন। এভাবে যতদিন না সেই ব্যক্তি অন্তরের স্বাভাবিক প্রেরণায় তাঁকে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক আদর্শের প্রকাশ বলে গ্রহণ করতে পারত ততদিন পর্যন্ত তিনি তার ধর্মলাভ সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারতেন না।
শেষোক্ত উপায়ের দ্বারা ব্যক্তিবিশেষের আধ্যাত্মিক উন্নতির পরিমাণ নির্ণয় ঠাকুরের পক্ষে স্বাভাবিক কেন
এই কথাগুলিতে পাঠক বিস্মিত হবেন সন্দেহ নেই। কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যায়, শুধু যে তাতে বিস্ময়ের কারণ কিছুমাত্র নেই তা নয়, বরং এমন করাই ঠাকুরের পক্ষে নিতান্ত যুক্তিযুক্ত ও স্বাভাবিক ছিল। বোঝা যায়, নিজের মধ্যে অদৃষ্টপূর্ব আধ্যাত্মিকতাপ্রকাশের কথা তিনি সত্যি সত্যিই জানতে পেরেছিলেন বলে তেমন আচরণ করা ছাড়া তাঁর উপায় ছিল না। ‘লীলাপ্রসঙ্গ’-এর অন্যত্র আমরা পাঠককে বোঝাতে প্রয়াস পেয়েছি, দীর্ঘকালব্যাপী অলৌকিক তপস্যা ও ধ্যানসমাধির সাহায্যে ঠাকুরের অন্তরে অভিমান-অহংকার সম্পূর্ণ বিনষ্ট হয়ে যখন তাঁর মধ্যে ভ্রমপ্রমাদের সম্ভাবনা একেবারে তিরোহিত হয়েছিল তখন অখণ্ড স্মৃতি ও অনন্ত জ্ঞানপ্রকাশ দেখা দিয়ে তাঁকে প্রাণে প্রাণে উপলব্ধি করিয়েছিল—তাঁর শরীর-মন আশ্রয় করে যেমন অভিনব আধ্যাত্মিক আদর্শ প্রকাশিত হয়েছে, সংসারে তেমন এর আগে আর কখনও কোথাও হয়নি। সুতরাং, সে কথা যথাযথ হৃদয়ঙ্গম করে সেই আদর্শের আলোয় যে ব্যক্তি নিজের জীবন গঠন করতে প্রয়াস পাবে, বর্তমান যুগে তারই আধ্যাত্মিক উন্নতিলাভ সুগম ও সহজসাধ্য হবে—এ বিষয়ে তাঁকে স্বতই বিশ্বাস স্থাপন করতে হয়েছিল। সেজন্য সমীপাগত ব্যক্তিরা তাঁর সম্বন্ধে ওই বিষয় বুঝেছে কি না এবং তাঁর প্রদর্শিত মহদুদার ভাব আশ্রয় করে নিজ নিজ জীবনগঠনে সচেষ্ট হয়েছে কি না তা তিনি বিশেষভাবে অনুসন্ধান করবেন, এতে বিচিত্র কিছু নেই।
অন্তরের সেই ধারণা ঠাকুর নানাভাবে আমাদের কাছে প্রকাশ করতেন। বলতেন, “নবাবী আমলের মুদ্রা বাদশাহী আমলে চলে না”, “আমি যেভাবে বলছি সেভাবে যদি চলে যাস, তাহলে সোজাসুজি গন্তব্য স্থলে পৌঁছে যাবি”, “যার শেষ জন্ম—যার সংসারে পুনঃপুনঃ আগমনের ও জন্ম-মরণের শেষ হয়েছে, সেই ব্যক্তিই এখানে আসবে এবং এখানকার ভাব গ্রহণ করতে পারবে”,[9] “তোমার ইষ্ট (উপাস্য দেব) (নিজেকে দেখিয়ে) এর ভিতরে আছেন, একে ভাবলেই তাঁকে ভাবা হবে”। —ইত্যাদি।
আশ্রিতদের অন্তরে ওই ভাবের উদয় হয়ে দিন দিন তা দৃঢ়প্রতিষ্ঠ হচ্ছে কি না, ঠাকুর তা কীভাবে খোঁজখবর করতেন, সে সম্বন্ধে কয়েকটি দৃষ্টান্ত দিলে পাঠক আমাদের কথা বুঝতে পারবেন:
‘আমাকে কী মনে হয়’—ঠাকুরের এই প্রশ্নে নানা ভক্তের নানা মত প্রকাশ
ঠাকুরের পুণ্যদর্শন ও অহৈতুকী কৃপালাভ করার যাঁদের সৌভাগ্য হয়েছিল তাঁরা প্রত্যেকেই জানেন, তিনি তাঁদের বিরলে অথবা দু-চারজন ভক্তের সামনে সময়ে সময়ে সহসা প্রশ্ন করে বসতেন, “আচ্ছা, আমাকে তোমার কী মনে হয় বল দেখি?” দক্ষিণেশ্বরে কিছুকাল যাতায়াত করে তাঁর সঙ্গে সম্বন্ধ কিছুটা ঘনিষ্ঠ হওয়ার পরেই সচরাচর ওই প্রশ্ন উঠত। তা বলে প্রথম দর্শনে অথবা তার অল্প পরে ওই প্রশ্ন তিনি যে কাউকে কখনও করেননি, তা নয়। যে-সব ভক্তের আগমনের কথা তিনি তাদের আসার বহু আগে যোগদৃষ্টিতে জানতে পেরেছিলেন, তাদের কেউ কেউ আসামাত্র তিনি তেমন প্রশ্ন করেছেন, আমরা জানি। এভাবে প্রশ্ন করা হলে তাঁর আশ্রিতদের প্রত্যেকে তাঁকে কতরকম উত্তর দিত, তা বলার নয়। কেউ বলত, ‘আপনি যথার্থ সাধু’—কেউ বলত, ‘যথার্থ ঈশ্বরভক্ত’—কেউ ‘মহাপুরুষ’—কেউ ‘সিদ্ধপুরুষ’—কেউ ‘ঈশ্বরাবতার’—কেউ ‘স্বয়ং শ্রীচৈতন্য’—কেউ ‘সাক্ষাৎ শিব’—কেউ ‘ভগবান’—ইত্যাদি। ব্রাহ্মসমাজপ্রত্যাগত কেউ কেউ—যারা ঈশ্বরের অবতারত্বে বিশ্বাস করত না—বলেছিল, “আপনি শ্রীকৃষ্ণ, বুদ্ধ, ঈশা ও শ্রীচৈতন্য প্রমুখ ভক্তাগ্রণীদের সমতুল্য, ঈশ্বরপ্রেমিক।” আবার খ্রিস্টান-ধর্মাবলম্বী উইলিয়মস্[10] নামে এক ব্যক্তিকে এভাবে জিজ্ঞাসা করা হলে তিনি তাঁকে ‘নিত্যচিন্ময়বিগ্রহ ঈশ্বরপুত্র ঈশামসি’ বলে নিজের মত প্রকাশ করেছিলেন। উত্তরদাতারা ঠাকুরকে কতটা বুঝত বলতে পারি না, কিন্তু সেই সব কথা দিয়ে তাঁর সম্বন্ধে এবং সঙ্গে সঙ্গে ঈশ্বর সম্বন্ধে নিজ নিজ মনোভাব যে যথাযথ ব্যক্ত করত, তা বলা বাহুল্য। ঠাকুরও তাদের এরকম সব উত্তর সেই আলোয় দেখে যার যেমন ভাব তার প্রতি তেমন আচরণ করতেন ও উপদেশাদি দিতেন। কারণ, ভাবময় ঠাকুর কখনও কারও ভাব নষ্ট না করে, সেই ভাবের পরিপুষ্টির মধ্য দিয়ে যাতে সে দেশকালাতীত সত্যস্বরূপ শ্রীভগবানকে উপলব্ধি করতে পারে, সে বিষয়ে সর্বদা সহায়তা করতেন। তবে উত্তরদাতা তাঁর প্রশ্নে নিজের অন্তরের ধারণা প্রকাশ করছে অথবা অপরের দ্বারা প্রণোদিত হয়ে কথা বলছে এ বিষয়ে তাঁর বিশেষ লক্ষ থাকত।
এ বিষয়ের ১ম দৃষ্টান্ত—ভক্ত পূর্ণচন্দ্র ও ‘ছেলেধরা মাস্টার’
পূর্ণ[11] যখন ঠাকুরের কাছে প্রথম আসে তখন তাকে নিতান্ত বালক বললেই হয়। বোধ হয়, তার বয়স তখন সবেমাত্র তেরো বছর পার হয়েছে। তখন ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত মহেন্দ্র, বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত শ্যামবাজারের বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে নিযুক্ত ছিলেন এবং বালকদের মধ্যে কাউকে স্বভাবত ঈশ্বরানুরাগী দেখতে পেলে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে নিয়ে আসতেন। এভাবে তেজচন্দ্র, নারায়ণ, হরিপদ, বিনোদ, (ছোট) নরেন, প্রমথ (পলটু) প্রভৃতি বাগবাজার-অঞ্চলের অনেকগুলি বালককে তিনি একে একে ঠাকুরের আশ্রয়ে নিয়ে এসেছিলেন। সেজন্য আমাদের মধ্যে কেউ কেউ রসিকতা করে তাঁকে ‘ছেলেধরা মাস্টার’ বলত এবং ঠাকুরও তা শুনে কখনও কখনও হাসতে হাসতে বলতেন, “তাঁর ওই নাম উপযুক্ত হয়েছে!” বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ানোর সময় পূর্ণের সুন্দর স্বভাব ও মধুর আলাপে তাঁর চিত্ত একদিন আকৃষ্ট হল এবং তার অল্পদিন পরেই তিনি ঠাকুরের সঙ্গে বালকের পরিচয় করিয়ে দেওয়ার বন্দোবস্ত করলেন। বন্দোবস্ত গোপনেই করা হল। কারণ, পূর্ণের অভিভাবকেরা বিশেষ কড়া মেজাজের লোক ছিলেন—সে কথা জানতে পারলে শিক্ষক ও ছাত্র দু-পক্ষকেই নিশ্চয় লাঞ্ছিত হতে হত। অতএব পূর্ণ যথাসময়ে বিদ্যালয়ে এল, গাড়ি ভাড়া করে দক্ষিণেশ্বরে চলে গেল, আবার স্কুলের ছুটি হওয়ার আগেই ফিরে এসে অন্যদিনের মতো বাড়ি গেল।
পূর্ণের আগমনে ঠাকুরের প্রীতি ও তার উচ্চাধিকার সম্বন্ধে কথা
পূর্ণকে দেখে ঠাকুর সেদিন বিশেষ প্রীত হয়েছিলেন এবং পরম স্নেহে তাকে উপদেশ দিয়ে ও জলযোগ করিয়ে ফেরার সময় বলে দিয়েছিলেন, “তোর যখনই সুবিধা হবে চলে আসবি, গাড়ি করে আসবি, যাতায়াতের ভাড়া এখান থেকে দেওয়ার বন্দোবস্ত থাকবে।” পরে আমাদের বলেছিলেন, “পূর্ণ নারায়ণের অংশ, সত্ত্বগুণী আধার—নরেন্দ্রের (স্বামী বিবেকানন্দের) নিচেই পূর্ণের এ বিষয়ে স্থান বলা যেতে পারে! এখানে এসে ধর্মলাভ করবে বলে যাদের অনেক আগে দেখেছিলাম, পূর্ণের আগমনে সেই থাকের (শ্রেণির) ভক্তদের আগমন পূর্ণ হল—এরপর ওরকম আর কেউ এখানে আসবে না।”
পূর্ণের সঙ্গে ঠাকুরের সপ্রেম আচরণ
পূর্ণেরও সেদিন অপূর্ব ভাবান্তর ঘটেছিল। ঠাকুরের সঙ্গে তার সম্বন্ধের পূর্বস্মৃতি জেগে উঠে তাকে একেবারে স্থির ও অন্তর্মুখী করে দিয়েছিল এবং তার দুনয়নে অজস্র আনন্দধারা বিগলিত হয়েছিল। অভিভাবকদের ভয়ে বহু চেষ্টায় নিজেকে সামলে তাকে সেদিন বাড়িতে ফিরতে হয়েছিল। সেই থেকে পূর্ণকে দেখার এবং খাওয়ানোর জন্য ঠাকুরের প্রাণে বিষম আগ্রহ জেগেছিল। সুবিধা পেলেই তিনি নানারকম খাবার তাকে পাঠিয়ে দিতেন এবং যে লোক তা নিয়ে যেত তাকে বিশেষ করে বলে দিতেন, সে যেন লুকিয়ে সেগুলি পূর্ণের হাতে দিয়ে আসে—কারণ, বাড়িতে সে কথা জানাজানি হলে তার উপর অত্যাচার হওয়ার সম্ভাবনা।
ঠাকুরের পূর্ণকে দেখার আগ্রহ ও তার সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎকালে জিজ্ঞাসা—‘আমাকে তোর কী মনে হয়?’
পূর্ণের সঙ্গে দেখা করার আগ্রহে আমরা ঠাকুরকে সময়ে সময়ে দরদর ধারে চোখের জল ফেলতে দেখেছি। তাঁর এমন আচরণে আমাদের বিস্মিত হতে দেখে তিনি একদিন বলেছিলেন, “পূর্ণের উপরে এই টান (আকর্ষণ) দেখেই তোরা অবাক হয়েছিস, নরেন্দ্রের (বিবেকানন্দের) জন্য প্রথম প্রথম প্রাণ যেমন ব্যাকুল হত ও যেমন ছটফট করতাম, তা দেখলে না জানি কী হতিস!” সে যা হোক, পূর্ণকে দেখার জন্য ব্যাকুল হলেই ঠাকুর এই সময় থেকে দুপুরে কলিকাতায় এসে পড়তেন এবং বাগবাজারে বলরাম বসুর ভবনে অথবা সেই অঞ্চলের অন্য কারও বাড়িতে গিয়ে খবর পাঠিয়ে তাকে বিদ্যালয় থেকে ডাকিয়ে আনতেন। এরকমই কোনো এক জায়গায় পূর্ণ ঠাকুরের পুণ্যদর্শন দ্বিতীয়বার লাভ করেছিল এবং সেদিন সে একেবারে আত্মহারা হয়ে পড়েছিল। ঠাকুর সেদিন স্নেহময়ী জননীর মতো তাকে নিজের হাতে খাইয়ে দিয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, “আমাকে তোর কী মনে হয়, বল দেখি?” ভক্তিগদগদ হৃদয়ের অপূর্ব প্রেরণায় অবশ হয়ে পূর্ণ তখন বলে উঠেছিল, “আপনি ভগবান—সাক্ষাৎ ঈশ্বর!”
পূর্ণের উত্তরে ঠাকুরের আনন্দ ও তাকে উপদেশ
বালক পূর্ণ দর্শন করামাত্রই যে তাঁকে সর্বোচ্চ আধ্যাত্মিক আদর্শ বলে গ্রহণ করতে পেরেছে, এ কথা জেনে ঠাকুরের সেদিন বিস্ময় ও আনন্দের অবধি ছিল না। তিনি তাকে সর্বান্তঃকরণে আশীর্বাদ করে শক্তিপূত মন্ত্রসহ সাধনরহস্যের উপদেশ দিয়েছিলেন। পরে দক্ষিণেশ্বরে ফিরে এসে আমাদের বারবার বলেছিলেন, “আচ্ছা, পূর্ণ ছেলেমানুষ, বুদ্ধি পরিপক্ব হয়নি, সে কেমন করে ও কথা বুঝল, বল দেখি? আরও কেউ কেউ দিব্য সংস্কারের প্রেরণায় পূর্ণের মতো ওই প্রশ্নের এমন উত্তর দিয়েছে! তা নিশ্চয় পূর্বজন্মকৃত সংস্কার। এদের শুদ্ধ সাত্ত্বিক অন্তরে সত্যের ছবি স্বভাবত পূর্ণপরিস্ফুট হয়ে ওঠে!”
সংসারী পূর্ণের মহত্ত্ব
ঘটনাচক্রে পূর্ণকে বিবাহ করে সাধারণের মতো সংসারযাত্রা চালাতে হয়েছিল—কিন্তু যাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল, তারা সকলেই তার অলৌকিক বিশ্বাস, ঈশ্বরনির্ভরতা, সাধনপ্রিয়তা, নিরভিমানিতা ও সবদিক দিয়ে আত্মত্যাগের বিষয়ে এক বাক্যে সাক্ষ্য দেয়।
দ্বিতীয় দৃষ্টান্ত—বৈকুণ্ঠনাথকে ঠাকুরের এ বিষয়ে প্রশ্ন ও তার উত্তর
আশ্রিত ভক্তদের ওইভাবে প্রশ্ন করার আর একটি দৃষ্টান্ত আমরা এখানে দেব। আমাদের সুপরিচিত এক ব্যক্তি দক্ষিণেশ্বরে আসার অল্পদিন পরে ঠাকুর একদিন তাঁকে নিজের ঘরের মহাপ্রভুর সংকীর্তনের ছবিখানি দেখিয়ে বললেন, “সকলে কেমন ঈশ্বরীয় ভাবে বিভোর হয়েছে দেখছিস?”
সেই ব্যক্তি—ওরা সব ছোট লোক, মহাশয়।
ঠাকুর— সে কিরে? ও কথা বলতে আছে!
সেই ব্যক্তি—হাঁ মহাশয়, আমার নদীয়ায় বাড়ি, আমি জানি বষ্টুম ফষ্টুম ছোটলোকে হয়।
ঠাকুর— তোর নদীয়ায় বাড়ি, তবে তোকে আর একটা প্রণাম।[12] আচ্ছা, রাম প্রভৃতি (নিজেকে দেখিয়ে) একে অবতার বলে, তোর কী মনে হয়, বল দেখি?
সেই ব্যক্তি—তারা তো ভারী ছোট কথা বলে, মহাশয়!
ঠাকুর— সে কিরে? ভগবানের অবতার বলে, আর তুই বলচিস ছোট কথা বলে!
সেই ব্যক্তি—হাঁ মহাশয়, অবতার তো তাঁর (ঈশ্বরের) অংশ, আমার আপনাকে সাক্ষাৎ শিব বলে মনে হয়।
ঠাকুর— বলিস কিরে?
সেই ব্যক্তি—ওইরকম মনে হয়, তা কী করব বলুন? আপনি শিবের ধ্যান করতে বলেছেন, কিন্তু রোজ চেষ্টা করলেও তা কিছুতেই পারি না! ধ্যান করতে বসলেই আপনার প্রসন্ন মুখখানি সামনে জ্বলজ্বল করতে থাকে, তাকে সরিয়ে শিবকে কিছুতেই মনে আনতে পারি না, ইচ্ছাও হয় না! সুতরাং আপনাকে শিব বলে ভাবি।
ঠাকুর— (হাসতে হাসতে) বলিস কিরে! আমি কিন্তু জানি, আমি তোর একগাছি ছোট কেশের সমান (উভয়ের হাস্য)। যাহোক, তোর জন্য বড় ভাবনা ছিল, আজ নিশ্চিন্ত হলাম।
শেষের কথাগুলি ঠাকুর কেন বললেন, তা সেই ব্যক্তি তখন বুঝেছিলেন কি না বলতে পারি না। আমাদের জানা আছে, এমন ক্ষেত্রে ঠাকুর প্রসন্ন হয়েছেন—এই কথা বুঝেই প্রাণ ভরে উঠত এবং তাঁর সে-সব কথা বোঝার প্রবৃত্তি থাকত না! এখন বুঝতে পারি, সেই ব্যক্তি তাঁকে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক আদর্শ বলে গ্রহণ করেছে জেনেই ঠাকুর সেদিন ওই কথাগুলি বলেছিলেন।
কথায় ও কাজে যার মিল নেই তাকে বিশ্বাস করতে নেই
আশ্রিত ভক্তেরা যাতে তাঁর সবরকম আচরণ তন্ন তন্ন করে দেখে বুঝে-সুঝে তাঁকে সেভাবে গ্রহণ করে, সেজন্য ঠাকুর বিশেষ চেষ্টা করতেন। কারণ, প্রায়ই তিনি আমাদের বলতেন, “সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে সাধুকে বিশ্বাস করবি।” সাধু অপরকে যা শিক্ষা দেয় নিজে তা পালন করে কি না সেদিকে বিশেষভাবে লক্ষ রাখতে ঠাকুর আমাদের সর্বদা উৎসাহিত করতেন। বলতেন—কথায় এবং কাজে, মন ও মুখে যার মিল নেই, তার কথায় কখনও বিশ্বাস করতে নেই। সেই প্রসঙ্গে একটি গল্পও তাঁকে কখনও কখনও বলতে শুনেছি।
এ বিষয়ে ঠাকুরের গল্প—বৈদ্য ও অসুস্থ বালক
এক ব্যক্তির অল্পবয়সী ছেলে সর্বদা অজীর্ণরোগে কষ্ট পেত। ছেলের বাবা তার চিকিৎসার জন্য তাকে অন্য গ্রামে এক বিখ্যাত বৈদ্যের কাছে নিয়ে গেল। বৈদ্য বালককে পরীক্ষা করে তার রোগনির্ণয় করলেন, কিন্তু ওষুধের ব্যবস্থা সেদিন না করে তাকে পরদিন আবার আসতে বললেন।
পরদিন বাবা ছেলেকে নিয়ে উপস্থিত হলে বৈদ্য বালককে বললেন, “তুমি গুড় খাওয়া ছেড়ে দাও, তাহলেই সেরে যাবে, ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।” বাবা সে কথা শুনে বলল, “মহাশয়, ও কথা তো কাল বললেই পারতেন; তাহলে এতটা কষ্ট করে আজ এতদূর আসতে হত না!” বৈদ্য তখন বললেন, ‘কী জান, কাল আমার এখানে কয়েক কলসি গুড় ছিল—দেখেছিলে বোধ হয়। কাল যদি বালককে গুড় খেতে নিষেধ করতাম, তাহলে সে ভাবত কবিরাজ লোক মন্দ নয়, নিজে এত গুড় খাচ্ছে আর আমাকে কি না গুড় খেতে নিষেধ করছে। এই ভেবে সে আমার কথায় শ্রদ্ধা করা দূরে থাকুক কিছুমাত্র বিশ্বাস করত না। সেজন্য গুড়ের কলসি সরাবার আগে তাকে ও কথা বলিনি।’
ভক্তদের ঠাকুরকে পরীক্ষা
ঠাকুরের এমন শিক্ষার প্রেরণায় আমরা সকলে তাঁর আচরণগুলি বিশেষভাবে লক্ষ করতাম। কেউ কেউ আবার তার প্রভাবে তাঁকে পরীক্ষা করতেও পিছপা হত না! ফলে দেখা গিয়েছে, নিজ নিজ বিশ্বাসভক্তি বৃদ্ধির জন্য সরলান্তঃকরণে আমরা তাঁর উপরে যে যা আবদার-অত্যাচার করেছি, সে সবই তিনি প্রসন্নমনে সহ্য করেছেন। নিচের দৃষ্টান্ত পড়লে পাঠক এ কথা ভালো করে হৃদয়ঙ্গম করবেন।
১ম দৃষ্টান্ত—যোগানন্দ স্বামীর কথা
যোগানন্দ স্বামীজীর সম্বন্ধে কিছু কথা আমরা এর আগে পাঠককে বলেছি। ঘটনাটি তাঁকে নিয়েই ঘটেছিল এবং তাঁরই কাছে আমরা পরে শুনেছিলাম। প্রথমে শ্রীযুত যোগানন্দের পরিচয় সংক্ষেপে পাঠককে দিয়ে আমরা তা বলতে শুরু করব। যোগানন্দের পূর্বনাম ছিল যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। সুবিখ্যাত সাবর্ণ চৌধুরীদের বংশে ইনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা নবীনচন্দ্র এককালে ধনাঢ্য জমিদার ছিলেন এবং তাঁরা পুরুষানুক্রমে দক্ষিণেশ্বর গ্রামেই বাস করে আসছিলেন। যোগীন্দ্রের বাল্যকালে এবং তার আগে তাঁদের বাড়ি ভারত-ভাগবত প্রভৃতি গ্রন্থপাঠে, পূজা ও কীর্তনাদিতে সর্বদা মুখরিত থাকত। ঠাকুর বলতেন, সাধনকালে তিনি বহু বার ওই বাড়িতে হরিকথা শুনতে গিয়েছিলেন এবং কর্তাদের কারও কারও সঙ্গে পরিচিত ছিলেন। কিন্তু যোগীন্দ্র কৈশোর পার হতে না হতেই গৃহবিবাদ এবং অন্য নানা কারণে তাঁদের অধিকাংশ সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছিল, চৌধুরীবংশীয়েরা দিন দিন নিঃস্ব হয়ে পড়ছিলেন।
যোগীন্দ্রের পুণ্য সংস্কারসমূহ ও বুদ্ধিমত্তা
যোগীন্দ্র বাল্যকাল থেকেই ধীর, বিনয়ী ও মধুর প্রকৃতির ছিলেন। অসাধারণ শুভ সংস্কার নিয়ে তিনি সংসারে জন্মপরিগ্রহ করেছিলেন। জ্ঞানোন্মেষের সঙ্গে সঙ্গে বাল্যকালে তাঁর সর্বদা মনে হত তিনি পৃথিবীর লোক নন, এখানে তাঁর আবাস নয়, অতি দূরের কোনো এক নক্ষত্রপুঞ্জে তাঁর যথার্থ আবাস এবং সেখানেই তাঁর পূর্বপরিচিত সঙ্গীরা এখনও রয়েছে! আমরা তাঁকে কখনও ক্রুদ্ধ হতে দেখিনি। স্বামী বিবেকানন্দ বলতেন, ‘আমাদের ভিতর যদি কেউ সর্বতোভাবে কামজিৎ থাকে তো সে যোগীন।’ সরলভাবে সকলকে বিশ্বাস করার জন্য ঠাকুরের কাছে কখনও কখনও তিরস্কৃত হলেও যোগীন্দ্র নির্বোধ ছিলেন না; এবং সর্বদা শান্তভাবে নিজের কাজে ব্যাপৃত থাকলেও তাঁর বিচারশীল মন সকলের সব কাজ লক্ষ করে তাদের সম্বন্ধে যে-সব মতামত স্থির করত তা প্রায় কখনও মিথ্যা হত না। সেইজন্য বুদ্ধিমান বলে যোগীন্দ্রের বোধ হয় একটু অহংকার ছিল।
ঠাকুরের কথা—যোগীন্দ্র ঈশ্বরকোটি ভক্ত
দক্ষিণেশ্বরে বসবাস করতেন বলে যৌবনে পা দিতে না দিতেই যোগীন ঠাকুরের পুণ্যদর্শনলাভে ধন্য হয়েছিলেন। প্রথম যেদিন আসেন, সেদিন ঠাকুর এঁকে দেখে এঁর পরিচয় পেয়ে বিশেষ প্রীত হয়েছিলেন এবং বুঝেছিলেন তাঁর কাছে ধর্মলাভ করতে আসবে বলে যাঁদের শ্রীশ্রীজগন্মাতা তাঁকে অনেক আগে দেখিয়েছিলেন, যোগীন কেবল তাঁদেরই একজন নন; যে ছয়জন বিশেষ ব্যক্তিকে ঈশ্বরকোটি বলে জগদম্বার কৃপায় তিনি পরে জানতে পেরেছিলেন, ইনি তাঁদেরও একজন।
যোগীন্দ্রের বিবাহ, মনস্তাপ ও ঠাকুরের কাছে যাওয়া বন্ধ হওয়ায় ঠাকুরের কৌশলে তাকে আনয়ন ও সান্ত্বনা
আমরা অন্যত্র বলেছি মায়ের করুণ কান্নায় যোগীন সম্পূর্ণ অনিচ্ছাসত্ত্বেও সহসা বিবাহ করেছিলেন। তিনি বলতেন, “বিবাহ করেই মনে হল ঈশ্বরলাভের আশা করা এখন বিড়ম্বনা মাত্র; যে ঠাকুরের প্রথম শিক্ষা কামিনীকাঞ্চনত্যাগ তাঁর কাছে আর কিসের জন্য যাব; হৃদয়ের কোমলতায় জীবনটা নষ্ট করেছি, তা আর ফেরার নয়; এখন যত শীঘ্র মৃত্যু হয় ততই মঙ্গল। আগে ঠাকুরের কাছে প্রতিদিন যেতাম, ওই ঘটনার পরে একেবারে যাওয়া বন্ধ করলাম এবং দারুণ হতাশা ও মনস্তাপে দিন কাটাতে লাগলাম। ঠাকুর কিন্তু ছাড়লেন না। বারবার লোক দিয়ে ডেকে পাঠাতে লাগলেন এবং তাতেও গেলাম না দেখে অপূর্ব কৌশল অবলম্বন করলেন। কালীবাড়ির এক ব্যক্তি একটা জিনিস কিনে দেওয়ার জন্য আমাকে বিয়ের আগে কয়েকটি টাকা দিয়েছিলেন। জিনিসটির দাম দিয়ে দু-চার আনা পয়সা বেঁচেছিল। জিনিসটি লোক মারফত তাঁকে পাঠিয়ে বলে দিয়েছিলাম, বাকি পয়সা শিগগিরই পাঠাচ্ছি। ঠাকুর তা জানতে পেরে একদিন কৃত্রিম রাগ দেখিয়ে আমাকে বলে পাঠালেন, ‘তুই কেমন লোক? লোকে জিনিস কিনতে দিলে তার হিসাব দেওয়া, বাকি পয়সা ফিরিয়ে দেওয়া দূরে থাকুক, কবে দিবি তার একটা খবর পাঠানো পর্যন্ত নেই!’ সে কথায় আমার হৃদয়ে বিষম অভিমান জেগে উঠল; ভাবলাম, ঠাকুর আমাকে এতদিন পরে জুয়াচোর মনে করলেন! থাক, আজ কোনোরকমে গিয়ে এই গণ্ডগোল মিটিয়ে দিয়ে আসব; পরে কালীবাড়ির দিক আর মাড়াব না। হতাশা, অনুতাপ, অভিমান, অপমান প্রভৃতি নানা ভাবে মৃতকল্প হয়ে বিকেলে কালীবাড়িতে গেলাম। দূর থেকে দেখতে পেলাম, ঠাকুর পরনের কাপড়খানি বগলে ধরে ঘরের বাইরে এসে যেন ভাবাবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখামাত্র বেগে এগিয়ে এসে বলতে লাগলেন, ‘বিয়ে করেছিস, তাতে ভয় কী? এখানকার কৃপা থাকলে লাখটা বিয়ে করলেও কোনো ক্ষতি হবে না; যদি সংসারে থেকে ঈশ্বরলাভ করতে চাস তাহলে তোর স্ত্রীকে একদিন এখানে নিয়ে আসিস—তাকে ও তোকে সেরকম করে দেব; আর যদি সংসারত্যাগ করে ঈশ্বরলাভ করতে চাস, তাহলে তাই করে দেব!’ অর্ধবাহ্যদশায় বলা ঠাকুরের ওই কথাগুলি একেবারে প্রাণের ভিতরটা স্পর্শ করল এবং আগের হতাশার অন্ধকার কোথায় অন্তর্হিত হয়ে গেল! অশ্রুপূর্ণনয়নে তাঁকে প্রণাম করলাম। তিনিও সস্নেহে আমার হাত ধরে ঘরে প্রবেশ করলেন এবং সেই হিসাব ও বাকি পয়সার কথা যখন তুলতে গেলাম তখন সে কথায় কর্ণপাতও করলেন না।” গৃহত্যাগী উদাসীনের ভাব নিয়ে যোগীন্দ্র সংসারে এসেছিলেন, বিবাহ করেও তাঁর সেই ভাব কিছুমাত্র পরিবর্তিত হল না। আগের মতো ঠাকুরের সেবায় ও আশ্রয়েই তাঁর দিন কাটতে লাগল। ছেলেকে বিষয়কর্ম ও অর্থোপার্জনে উদাসীন দেখে বাবা-মা অনুযোগ করতে লাগলেন। যোগীন বলতেন, “এমনই অনুযোগ করতে করতে মা একদিন বললেন, ‘যদি উপার্জনে মন দিবি না তবে বিয়ে করলি কেন?’ বললাম, ‘আমি তো সেই সময়ে তোমাদের বারবার বলেছিলাম বিয়ে করব না; তোমার কান্না সহ্য করতে না পেরেই তো শেষে ওই কাজে রাজি হলাম।’ মা সে কথা শুনে ক্রুদ্ধ হয়ে বলে বসলেন, ‘ওটা কি আবার একটা কথা! —ভিতরে ইচ্ছা না হলে তুই আমার জন্য বিয়ে করেছিস, এ কি সম্ভব?’ তাঁর সেই কথায় একেবারে নির্বাক হয়ে ভাবতে লাগলাম, হা ভগবান! যাঁর কষ্ট সইতে না পেরে তোমাকে ছাড়তে উদ্যত হলাম, তিনিই এই কথা বললেন! দূর হোক, এই সংসারে মন ও মুখে মিল একমাত্র ঠাকুর ছাড়া আর কারও নেই। সেইদিন থেকে সংসারে একেবারে বীতরাগ হয়ে গেলাম। ওই ঘটনার পর থেকে ঠাকুরের কাছে মাঝে মাঝে রাতেও থাকতে লাগলাম।”
যোগীন্দ্রের দক্ষিণেশ্বরে রাত্রিবাস
ঠাকুরের কাছে সমস্ত দিন কাটিয়ে যোগীন্দ্র একদিন দেখলেন, যে ভক্তেরা এসেছিল তারা সকলেই সন্ধ্যার মুখে একে একে বিদায় নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেল। কোনো রকম প্রয়োজন হলে রাতে লোকের অভাবে ঠাকুরের কষ্ট হতে পারে ভেবে তিনি সেদিন বাড়ি ফেরার সংকল্প ছেড়ে দিলেন। ঠাকুরও যোগীন এমন করায় বিশেষ প্রসন্ন হলেন। ঈশ্বরীয় আলাপে ক্রমে রাত দশটা বেজে গেল। ঠাকুর তখন জলযোগ করলেন এবং যোগীন্দ্রের খাওয়া শেষ হলে তাঁকে ঘরের ভিতরেই শুতে বলে নিজে শুয়ে পড়লেন। রাতের দ্বিতীয় প্রহর পার হলে ঠাকুরের বাইরে যাওয়ার ইচ্ছা হওয়ায় তিনি যোগীনের দিকে তাকিয়ে দেখলেন, সে অকাতরে ঘুমোচ্ছে। কাঁচা ঘুম ভাঙালে কষ্ট হবে ভেবে তাঁকে না ডেকে তিনি একা পঞ্চবটীর দিকে এগিয়ে ঝাউতলায় চলে গেলেন।
ঠাকুরের প্রতি সন্দেহ
যোগীন্দ্র চিরকাল স্বল্পনিদ্র ছিলেন। ঠাকুর চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তাঁর ঘুম ভেঙে গেল। ঘরের দরজা খোলা রয়েছে দেখে তিনি উঠে বসলেন এবং বিছানায় ঠাকুরকে দেখতে না পেয়ে ভাবতে লাগলেন, তিনি এত রাতে কোথায় গিয়েছেন। গাড়ু প্রভৃতি জলপাত্রগুলি যথাস্থানে রয়েছে দেখে ভাবলেন, ঠাকুর বুঝি তবে বাইরে পায়চারি করছেন। যোগীন্দ্র বাইরে এলেন, জ্যোৎস্নার আলোয় চারদিকে তাকিয়ে দেখলেন, কাউকে দেখতে পেলেন না। তখন তাঁর মনে দারুণ সন্দেহ জাগল—তবে কি ঠাকুর নহবতে নিজের পত্নীর কাছে শুতে গিয়েছেন? —তবে কি তিনিও মুখে যা বলেন, কাজে তার বিপরীত করেন?
যোগীন্দ্রের সংশয়ের মীমাংসা
যোগীন্দ্র বলতেন, “ওই চিন্তা মনে উঠতেই সন্দেহ, ভয় প্রভৃতি নানা ভাব একসঙ্গে এসে আমাকে একেবারে অভিভূত করে ফেলল। পরে স্থির করলাম, নিতান্ত কঠোর এবং রুচিবিরুদ্ধ হলেও যা সত্য তা জানতে হবে। তারপর কাছেই এক জায়গায় দাঁড়িয়ে নহবতখানার দরজার দিকে লক্ষ রাখতে লাগলাম। কিছুক্ষণ এভাবে থাকতে না থাকতে পঞ্চবটীর দিক থেকে চটিজুতার চটচট শব্দ শুনতে পেলাম এবং দেখতে দেখতে ঠাকুর এসে সামনে দাঁড়ালেন। আমাকে দেখে বললেন, ‘কী রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে?’ তাঁর উপরে মিথ্যা সন্দেহ করেছি বলে লজ্জা ও ভয়ে জড়সড় হয়ে অধোবদনে দাঁড়িয়ে রইলাম, সে কথার কোনো উত্তর দিতে পারলাম না। ঠাকুর আমার মুখ দেখেই সব কথা বুঝতে পারলেন এবং অপরাধ না নিয়ে আশ্বাস দিয়ে বললেন, ‘বেশ, বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি!’ এই কথা বলে ঠাকুর আমাকে পিছন পিছন আসতে বললেন এবং নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। সন্দিগ্ধ স্বভাবের প্রেরণায় কী ভয়ানক অপরাধ করে বসলাম, এ কথা ভেবে সে রাতে আমার আর ঘুম হল না।”
যোগীন্দ্রের গুরুপদে আত্ম-সমর্পণ
গুরুপদে সর্বতোভাবে আত্মোৎসর্গ করে প্রথমে তাঁর, এবং তাঁর অন্তর্ধানের পর শ্রীশ্রীমাতাঠাকুরানীর সেবায় প্রাণপাত করে স্বামী যোগানন্দ পরজীবনে সেই অপরাধের সম্যক প্রায়শ্চিত্ত করেছিলেন। তাঁর মতো তীব্র-বৈরাগ্যসম্পন্ন, জ্ঞান ও ভক্তির সমানভাবে অধিকারী, সমাধিমান যোগী পুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ-সন্ন্যাসিসংঘে বিরল। ১৮৯৯ খ্রিস্টাব্দের প্রারম্ভে তিনি দেহরক্ষা করে পরমপদে মিলিত হয়েছিলেন।
নরেন্দ্রের কাজ লক্ষ করে ঠাকুর তাঁর সম্বন্ধে যেমন ধারণা করেন
নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসার পর থেকে ঠাকুর যে তাঁর প্রতিটি কাজ প্রতিদিন তন্ন তন্ন করে লক্ষ করতেন, এ কথা আমরা আগেই উল্লেখ করেছি। তার ফলে তিনি বুঝেছিলেন, ধর্মানুরাগ, সাহস, সংযম, বীর্য ও মহৎ উদ্দেশ্যে আত্মোৎসর্গ করা প্রভৃতি সদ্গুণগুলি নরেন্দ্রের হৃদয়ে স্বভাবত প্রদীপ্ত রয়েছে। বুঝেছিলেন, শুভ সংস্কার তাঁর হৃদয়ে এত বেশি রয়েছে যে, প্রতিকূল অবস্থায় পড়ে বিশেষভাবে প্রলুব্ধ হলেও সাধারণ মানুষের মতো হীন কাজ তিনি কখনও করতে পারবেন না। আর, সত্যনিষ্ঠা—নরেন্দ্রের কঠোর সত্যপালন দেখে তিনি যে কেবল তার সব কথায় বিশ্বাস করতেন তাই নয়, তাঁর প্রাণে দৃঢ় ধারণা হয়েছিল, শীঘ্রই তার এমন অবস্থা আসবে যখন সত্য ছাড়া মিথ্যা কথা ভুল করেও তার মুখ দিয়ে বেরোবে না—যখন তার মনের যদৃচ্ছা-উত্থিত সংকল্পগুলিও সর্বদা সত্যে পরিণত হবে। সেজন্য তিনি তাকে সে বিষয়ে সর্বদা উৎসাহ দিয়ে বলতেন, “যে কায়মনোবাক্যে সত্যকে ধরে থাকে, সে সত্যস্বরূপ ঈশ্বরের দর্শনলাভে ধন্য হয়”,—“বারো বছর কায়মনোবাক্যে সত্যপালন করলে মানুষ সত্যসংকল্প হয়”।
কৌতুকজনক ঘটনা—চামচিকেকে চাতক নির্ণয়
সত্যনিষ্ঠার জন্য নরেন্দ্রনাথের উপর ঠাকুরের যে দৃঢ় বিশ্বাস ছিল, সে সম্বন্ধে একটি কৌতুকজনক ঘটনা আমাদের মনে পড়ছে। একদিন কথাপ্রসঙ্গে ঠাকুর বুঝিয়ে দিচ্ছিলেন, ভক্তের স্বভাব হয় চাতক পাখির মতো—“চাতক যেমন নিজের পিপাসা শান্তির জন্য সর্বদা মেঘের দিকে তাকিয়ে থাকে এবং তার উপর সর্বতোভাবে নির্ভর করে, ভক্তও তেমনি নিজের প্রাণের পিপাসা ও সবরকম অভাব মেটাবার জন্য একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে”—ইত্যাদি। নরেন্দ্রনাথ তখন সেখানে বসে ছিলেন। তিনি সহসা বলে উঠলেন, “মহাশয়, চাতক বৃষ্টির জল ছাড়া অন্য কিছু পান করে না—এমন প্রসিদ্ধি থাকলেও সে কথা সত্য নয়, অন্য পাখিদের মতো নদী প্রভৃতি জলাশয়েও পিপাসা মেটায়। আমি চাতক পাখিকে সেভাবে জলপান করতে দেখেছি।” ঠাকুর বললেন, “সে কিরে—চাতক অন্য পাখির মতো জলপান করে? তবে তো আমার এতকালের ধারণা মিথ্যা হলো। তুই যখন দেখেছিস তখন তো আর ও বিষয়ে সন্দেহ করতে পারি না।” বালকস্বভাব ঠাকুর সে কথা বলেই নিশ্চিন্ত হলেন না, ভাবতে লাগলেন—ওই ধারণাটা যেমন ভুল বলে প্রমাণিত হল, তাঁর অন্য ধারণাগুলিও তো তেমনই হতে পারে। এই ভেবে তিনি বিশেষ বিষণ্ণ হলেন। তার অল্পদিন পরেই নরেন্দ্র একদিন ঠাকুরকে সহসা ডেকে বললেন, “ওই দেখুন মহাশয়, চাতক গঙ্গার জল পান করছে।” ঠাকুর ব্যস্ত হয়ে দেখতে এসে বললেন, “কই রে?” নরেন্দ্র দেখিয়ে দিলে তিনি দেখলেন, একটি চামচিকে জল খাচ্ছে; হাসতে হাসতে বললেন, “ওটা চামচিকে যে! ওরে শালা, তুই চামচিকেকে চাতক জ্ঞান করে আমাকে এতটা ভাবিয়েছিস! তোর সব কথায় আর বিশ্বাস করব না।”
নরেন্দ্রের সংযম
সম্মান, শিষ্টাচার, সৌন্দর্যানুভব প্রভৃতি ভাবগুলির প্রেরণায় যতটা কোমল হওয়া সম্ভব, রমণীর সামনে সাধারণ মানুষের অন্তর অনেক সময়ে তার চেয়ে বেশি মৃদু হয়ে পড়ে। হৃদয়ের সুপ্রচ্ছন্ন সংস্কারবিশেষ তাকে এমন করে তোলে, এ কথা শাস্ত্রসম্মত। নরেন্দ্রনাথের হৃদয়ে তেমন সংস্কার চিরকালই কম দেখা যেত! তা লক্ষ করে ঠাকুরের মনে দৃঢ় ধারণা হয়েছিল, নরেন্দ্র রূপজ মোহে আত্মহারা হয়ে সংযমের পথ থেকে কখনও ভ্রষ্ট হবে না। ঘন ঘন ভাবসমাধি হত বলে এক সময়ে আমাদের কাছে উচ্চ সম্মান পেতেন এমন একজনের[13] সঙ্গে এই বিষয়ে নরেন্দ্রনাথের তুলনা করে ঠাকুর একদিন বলেছিলেন, “রমণীদের আদরযত্নে ওই লোকটি যেন একেবারে আত্মহারা হয়ে গড়িয়ে পড়ে, নরেন্দ্র কখনও অমন হয় না; বিশেষ লক্ষ করে দেখেছি, ওরকম জায়গায় সে মুখে কিছু না বললেও তার ভাব দেখে মনে হয় সে যেন বিরক্ত হয়ে ঘাড় বাঁকিয়ে বলছে, ‘এরা আবার এখানে কেন?’”
শারীরিক লক্ষণ দেখে নরেন্দ্রের অন্তরের ভক্তির পরিমাণ নির্ণয়
জ্ঞানের প্রকাশ এবং পুরুষোচিত ভাবগুলি প্রবল থাকলেও নরেন্দ্রনাথের ভিতরে কোমলতা ও ভক্তিভাব কম ছিল না, ঠাকুর এ কথা আমাদের অনেকবার বলেছেন। সামান্য সামান্য আচরণে তাঁর মনের যে ভাবগুলি প্রকাশ পেত, কেবলমাত্র সেগুলি লক্ষ করেই ঠাকুর যে সেই সিদ্ধান্তে পৌঁছেছিলেন তা নয়, তাঁর শারীরিক লক্ষণগুলি দেখেও তিনি এ বিষয়ে স্থির করেছিলেন। আমাদের মনে পড়ে, একদিন নরেন্দ্রনাথের মুখ-শ্রী দেখতে দেখতে তিনি বলেছিলেন, “এমন চোখ কি কখনও শুষ্ক জ্ঞানীর হয়? জ্ঞানের সঙ্গে রমণীসুলভ ভক্তির ভাব তোর ভিতরে বিলক্ষণ রয়েছে। কেবলমাত্র পুরুষোচিত ভাবগুলি যার ভিতরে থাকে তার স্তনের বোঁটার চারদিকে ভেলার দাগ (কালো রং) থাকে না—মহাবীর অর্জুন তেমন ছিলেন।”
ঠাকুরের উদাসীনতায় নরেন্দ্রের আচরণ
যে চাররকম সাধারণ উপায়ের কথা আগে বলেছি, তা ছাড়াও আমাদের জানা ও অজানা অন্য নানা রকমে ঠাকুর নরেন্দ্রনাথকে পরীক্ষা করেছিলেন। তার মধ্যে প্রধান দু-একটির কথা এবার আমরা পাঠককে বলব। আমরা আগে বলেছি, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এলে ঠাকুর তাঁকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তেন। তাঁকে দূরে দেখামাত্র ঠাকুরের সম্পূর্ণ অন্তর যেন প্রবল বেগে শরীর থেকে বেরিয়ে এসে তাঁকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করত! “ঐ ন -, ঐ ন -” বলতে বলতে আমরা কতদিন ঠাকুরকে এভাবে সমাধিস্থ হয়ে পড়তে দেখেছি তা বলা যায় না। তা হলেও কিন্তু দক্ষিণেশ্বরে কিছুকাল যাতায়াত করার পরে এমন একদিন এল, যেদিন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসতেই তিনি তাঁর সঙ্গে সবদিক দিয়ে উদাসীনের মতো আচরণ করতে শুরু করলেন। নরেন্দ্র এলেন, ঠাকুরকে প্রণাম করলেন, সামনে বসে কিছুক্ষণ অপেক্ষা করলেন—ঠাকুর কিন্তু আদরযত্ন করা দূরে থাকুক একবার কুশলপ্রশ্ন পর্যন্ত না করে সম্পূর্ণ অপরিচিতের মতো তাঁর দিকে একবার তাকিয়ে আপন মনে বসে রইলেন। নরেন্দ্র ভাবলেন, ঠাকুর বুঝি ভাবাবিষ্ট রয়েছেন। অগত্যা কিছুক্ষণ পরে ঘরের বাইরে এসে হাজরা মহাশয়ের সঙ্গে কথাবার্তা আর তামাক খাওয়া নিয়ে রইলেন। ঠাকুর অন্যের সঙ্গে কথা বলছেন শুনতে পেয়ে নরেন্দ্র আবার তাঁর কাছে এলেন, তখনও ঠাকুর তাঁকে কিছুই না বলে অন্য দিকে মুখ ফিরিয়ে বিছানায় শুয়ে পড়লেন। এভাবে সমস্ত দিন কেটে সন্ধ্যা হয়ে এলেও ঠাকুরের ভাবান্তর না দেখে নরেন্দ্র তাঁকে প্রণাম করে কলিকাতায় ফিরলেন।
এক সপ্তাহ পার হতে না হতে নরেন্দ্রনাথ আবার দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে সেই অবস্থায় দেখলেন। সেদিনও হাজরা মহাশয় ও অন্যদের সঙ্গে নানা আলাপে সমস্ত দিন কাটিয়ে সন্ধ্যার মুখে তিনি বাড়ি ফিরে এলেন। এভাবে তৃতীয় এবং চতুর্থ দিন দক্ষিণেশ্বরে এসেও নরেন্দ্র ঠাকুরের কিছুমাত্র ভাবান্তর দেখতে পেলেন না। কিন্তু তাতেও তিনি একটুও ক্ষুব্ধ বা বিচলিত না হয়ে আগের মতো সমানে ঠাকুরের কাছে যাতায়াত করতে লাগলেন। নরেন্দ্র বাড়িতে থাকার সময় ঠাকুর তাঁর কুশলসংবাদ নিতে মধ্যে মধ্যে কাউকে পাঠাতেন বটে, কিন্তু কিছুকাল ধরে কাছে এলেই তাঁর সঙ্গে ওইরকম ব্যবহার করতেন। এভাবে এক মাসের বেশি সময় কেটে যাওয়ার পর ঠাকুর যখন দেখলেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসা বন্ধ করেননি, তখন একদিন তাঁকে কাছে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, “আচ্ছা, আমি তো তোর সঙ্গে একটা কথাও কই না, তবু তুই এখানে কী করতে আসিস বল দেখি?” নরেন্দ্র বললেন, “আমি কি আপনার কথা শুনতে এখানে আসি? আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছা করে, তাই আসি।” ঠাকুর সে কথায় বিশেষ প্রসন্ন হয়ে বললেন, “আমি তোকে বিড়ে (পরীক্ষা করে) দেখছিলাম—আদরযত্ন না পেলে তুই পালাস কি না; তোর মতো আধারই এতটা (অবজ্ঞা ও উদাসীনভাব) সহ্য করতে পারে—অন্য কেউ হলে এতদিন কোন কালে পালাত, এদিক আর মাড়াত না।”
ঈশ্বরদর্শনের আগ্রহে নরেন্দ্রের অণিমাদি বিভূতি প্রত্যাহার
আর একটি দৃষ্টান্ত দিয়ে আমরা এই প্রসঙ্গ শেষ করব। ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনলাভের আগ্রহ নরেন্দ্রনাথের অন্তরে কতটা প্রবল ছিল, তা এ থেকে ভালো করেই হৃদয়ঙ্গম হবে। এক সময়ে ঠাকুর নরেন্দ্রনাথকে পঞ্চবটীতলে ডেকে বলেছিলেন, “দ্যাখ, তপস্যাপ্রভাবে আমার মধ্যে অণিমাদি বিভূতিগুলি অনেক কাল হল উপস্থিত হয়েছে। কিন্তু আমার মতো লোকের, যার পরিধানের কাপড় পর্যন্ত ঠিক থাকে না, তার ওসব যথাযথ ব্যবহার করার অবসর কোথায়? তাই ভাবছি, মাকে বলে তোকে ওসব দিই; কারণ, মা জানিয়ে দিয়েছেন, তোকে তাঁর অনেক কাজ করতে হবে। ওসব শক্তি তোর ভিতরে সঞ্চারিত হলে কাজের সময় সেসব ব্যবহারে লাগাতে পারবি—কী বলিস?” যেদিন ঠাকুরের পুণ্যদর্শন লাভ করেন, সেদিন থেকে নরেন্দ্র দৈবীশক্তির অশেষ প্রকাশ তাঁর মধ্যে দেখে আসছিলেন। সুতরাং তাঁর সেই কথায় অবিশ্বাস করার নরেন্দ্রের কোনো কারণ ছিল না। অবিশ্বাস না করলেও তাঁর হৃদয়ের স্বাভাবিক ঈশ্বরানুরাগ কিন্তু তাঁকে সেই সব বিভূতি নির্বিচারে গ্রহণ করার পরামর্শ দিল না। তিনি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, “মহাশয়, ওসব দিয়ে আমার ঈশ্বরলাভে সহায়তা হবে কি?” ঠাকুর বললেন, “সে বিষয়ে সহায়তা না হলেও ঈশ্বরলাভ করে যখন তাঁর কাজ করতে শুরু করবি, তখন ওসব বিশেষ সহায়তা করতে পারবে।” নরেন্দ্র সে কথা শুনে বললেন, “মহাশয়, আমার ওসবে প্রয়োজন নেই। আগে ঈশ্বরলাভ হোক, পরে ওসব গ্রহণ করা না করা সম্বন্ধে স্থির করা যাবে। বিচিত্র বিভূতিগুলি এখন লাভ করে যদি উদ্দেশ্য ভুলে যাই এবং স্বার্থপরতার প্রেরণায় ওসব অযথা ব্যবহার করে বসি, তাহলে সর্বনাশ হবে যে!” ঠাকুর নরেন্দ্রকে অণিমাদি বিভূতিগুলি সত্যি-সত্যিই দিতে উদ্যত হয়েছিলেন, অথবা তাঁর অন্তর পরীক্ষার জন্য ওইভাবে আচরণ করেছিলেন, তা নিশ্চয় করে বলা আমাদের সাধ্যাতীত—কিন্তু নরেন্দ্র সেগুলি গ্রহণ করতে রাজি না হওয়ায় তিনি যে বিশেষ প্রসন্ন হয়েছিলেন, এ কথা আমাদের জানা আছে।
[1] পূর্ব নাম – বাবুরাম।
[2] শ্রীচারুচন্দ্র চক্রবর্তী।
[3] জগদম্বার সৃজনী ও পালনী শক্তির মূর্তিমতী-স্বরূপা নারীদের।
[4] স্বামী নিরঞ্জনানন্দ।
[5] ছোট নরেন্দ্র।
[6] স্বামী যোগানন্দ, পূর্ব নাম যোগেন্দ্রনাথ রায়চৌধুরী
[7] স্বামী যোগানন্দ।
[8] হরিশের মাতা জীবিত ছিলেন না, বোধ হয় সেইজন্য ঠাকুর ও কথা বলেছিলেন।
[9] ঠাকুরের এই কথার বিস্তারিত আলোচনা আমরা ‘গুরুভাব – উত্তরার্ধ’-শীর্ষক গ্রন্থের চতুর্থ অধ্যায়ে করেছি।
[10] আমরা বিশ্বস্তসূত্রে শুনেছি, এই ব্যক্তি কয়েকবার ঠাকুরের কাছে যাতায়াত করার পরেই তাঁকে ঈশ্বরাবতার বলে স্থির করেছিলেন এবং তাঁর উপদেশে সংসারত্যাগ করে পাঞ্জাবপ্রদেশের উত্তরে অবস্থিত হিমালয়গিরির কোনো এক স্থানে তপস্যাদিতে নিযুক্ত হয়ে শরীরপাত করেছিলেন।
[11] পূর্ণচন্দ্র ঘোষ।
[12] কারও সঙ্গে সাক্ষাৎ হওয়ামাত্র তাকে প্রণাম করা ঠাকুরের রীতি ছিল। এই ব্যক্তিকে এর আগে এমন করেছিলেন বলে আবার প্রণাম করার সময় তিনি এই কথা বলেছিলেন।
[13] নিত্যগোপাল – ইনি পরজীবনে জ্ঞানানন্দ স্বামী নাম গ্রহণ করেছিলেন।
নিজের মধ্যে স্ত্রীভাবের ও নরেন্দ্রের মধ্যে পুরুষভাবের প্রকাশ বলে ঠাকুর উল্লেখ করতেন—এর অর্থ
ঠাকুর কখনও কখনও নরেন্দ্রের সঙ্গে নিজের স্বভাবের তুলনা নিয়ে আলোচনা করে আমাদের বলতেন, “এর (তাঁর নিজের) ভিতরে যে আছে তাতে স্ত্রীলোকের মতো ভাবের, ও নরেনের ভিতরে যে আছে তাতে পুরুষোচিত ভাবের প্রকাশ রয়েছে।” কথাগুলি তিনি ঠিক কোন অর্থে প্রয়োগ করতেন, তা নির্ণয় করা দুষ্কর। তবে ঈশ্বর বা চরম সত্যের অনুসন্ধানে তাঁরা দুজনে যে পথে অগ্রসর হয়েছিলেন অথবা যে উপায় প্রধানত অবলম্বন করেছিলেন, তা পর্যালোচনা করলে ওই কথার একটা সংগত অর্থ পাওয়া যায়। কারণ, দেখা যায়, ঈশ্বরলাভ করতে হলে যে-সব উপায় অবলম্বনীয় বলে অধ্যাত্মশাস্ত্রগুলি নির্দেশ করেছে, ঠাকুর সেগুলির প্রত্যেকটি গুরুমুখে শোনামাত্র তাতে পূর্ণ বিশ্বাস রেখে তার অনুষ্ঠান শুরু করেছিলেন—নরেন্দ্রনাথের আচরণ কিন্তু এ ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন আকার ধারণ করত। নরেন্দ্র এমন ক্ষেত্রে শাস্ত্র এবং গুরুবাক্যে ভ্রম-প্রমাদের সম্ভাবনা আছে কি না, তা নির্ণয় করতে প্রথমেই নিজের বুদ্ধিবৃত্তিকে নিযুক্ত করতেন, এবং তর্কযুক্তি দিয়ে সেগুলির প্রতিষ্ঠা সম্ভবপর বলে বিবেচনা করার পরে সেগুলির অনুষ্ঠান শুরু করতেন। পূর্বসংস্কারবশে দৃঢ় আস্তিক্যবুদ্ধিসম্পন্ন হলেও নরেন্দ্রের ভিতর—মানুষমাত্রেই নানা কুসংস্কার ও ভ্রমপ্রমাদের বশবর্তী, অতএব কারও কোনো কথা নির্বিচারে গ্রহণ করব কেন? —এমন একটা ভাব আজীবন দেখা যায়। এর ফলাফল যা-ই হোক এবং এর উৎপত্তি যেখানে যেভাবেই হোক না কেন, বুদ্ধিবৃত্তির সাহায্যে বিশ্বাস-ভক্তিকে এভাবে সংযত রেখে আধ্যাত্মিক রাজ্যে এবং অন্য সব বিষয়ে অগ্রসর হওয়াই যে বর্তমান কালের সাধারণ মানুষের কাছে পুরুষোচিত বলে বিবেচিত হয়, এ কথা বলতে হবে না।
নরেন্দ্রের পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী শিক্ষা, স্বাধীন চিন্তা, সংশয়, গুরুবাদ অস্বীকার করা
পারিপার্শ্বিক অবস্থাগুলি মানবজীবনে সর্বত্র সর্বকালে বিশেষ অধিকার বিস্তার করে বসে। শুধু অধিকারবিস্তার কেন? —সেগুলিই মানবজীবনকে গন্তব্যপথে সর্বদা নিয়ন্ত্রিত করে। অতএব নরেন্দ্রের জীবনে সেগুলির প্রভাব ও প্রেরণা পরিলক্ষিত হবে, এতে বিচিত্র কিছুই নেই। ঠাকুরের কাছে যাওয়ার আগেই নরেন্দ্র নিজের অসাধারণ ধীশক্তির প্রভাবে ইংরেজি কাব্য, সাহিত্য, ইতিহাস ও ন্যায়ে সুপ্রতিষ্ঠিত হয়ে পাশ্চাত্য ভাবে বিশেষ ভাবিত হয়েছিলেন। স্বাধীন চিন্তার সাহায্যে সব বিষয়ের অনুসন্ধান করা—পাশ্চাত্যের এই মূলমন্ত্র সেই সময়েই তাঁর মনে মজ্জাগত হয়ে গিয়েছিল। সুতরাং শাস্ত্রবাক্য সম্বন্ধে তিনি যে তখন বিশেষ সন্দিহান হবেন ও অনেক জায়গায় সেগুলিকে মিথ্যা বলে বোধ করবেন, এবং কোনো বিশেষ মানুষকে অভিজ্ঞ শিক্ষক হিসেবে ছাড়া অন্য কোনো ভাবে গুরু বলে স্বীকার করতে পরাঙ্মুখ হবেন, এটাই স্বাভাবিক।
পিতার জীবন ও সমাজের সেই শিক্ষায় সহায়তা
অভিভাবকদের জীবনাদর্শ এবং কলিকাতার তৎকালীন সমাজের অবস্থা নরেন্দ্রনাথকে ওই ভাব পোষণ করতে সাহায্য করেছিল। পিতামহ আজীবন হিন্দুশাস্ত্রে অশেষ আস্থা রেখে সন্ন্যাস গ্রহণ করলেও নরেন্দ্রের পিতা পাশ্চাত্য শিক্ষা ও স্বাধীন চিন্তার ফলে সেই বিশ্বাস হারিয়েছিলেন। পারস্যের কবি হাফেজের কবিতা এবং বাইবেলে নিবদ্ধ ঈশার বাণীগুলিকে তিনি আধ্যাত্মিক ভাবের চূড়ান্ত বলে গণ্য করতেন। সংস্কৃত ভাষায় অজ্ঞতাবশত গীতা-প্রমুখ হিন্দুশাস্ত্রগুলি অধ্যয়ন করতে পারেননি বলেই যে তাঁকে আধ্যাত্মিক রসোপভোগের জন্য সেই সব গ্রন্থের শরণাপন্ন হতে হয়েছিল, তা বলতে হবে না। আমরা শুনেছি, নরেন্দ্রকে ধর্মালোচনা করতে দেখে তিনি একদিন তাকে একখানি বাইবেল উপহার দিয়ে বলেছিলেন, ‘ধর্মকর্ম যদি কিছু থাকে, তা কেবলমাত্র এরই ভিতরে আছে’। হাফেজের কবিতাবলি এবং বাইবেলের এভাবে প্রশংসা করলেও তাঁর জীবন যে সেই সব গ্রন্থে বলা আধ্যাত্মিক ভাবে নিয়ন্ত্রিত ছিল, তা নয়। সেগুলির সাহায্যে ক্ষণিক রসানুভব ছাড়া, জীবনকে সেই আধ্যাত্মিক ভাবে নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয়তা তিনি কখনও অনুভব করেছিলেন বলে বোধ হয় না। অর্থোপার্জন করে নিজে ভোগসুখে থাকব এবং যথাসম্ভব দান করে দশজনকে সুখী করব—এটাই তাঁর জীবনের চরম উদ্দেশ্য ছিল। এ থেকে এবং তাঁর দৈনন্দিন জীবনের আলোচনা থেকে বোঝা যায়, ঈশ্বর, আত্মা, পরকাল প্রভৃতি বিষয়ে তাঁর বিশ্বাস কতটা শিথিল ছিল। বাস্তবিক, পাশ্চাত্যের জড়বাদ ও ইহকালসর্বস্বতা তখন নরেন্দ্রের পিতার মতো ব্যক্তিদের ভিতর আধ্যাত্মিক বিষয়ে দারুণ সংশয় ও অনেক সময়ে নাস্তিকতা এনে, আমাদের প্রাচীন ঋষি ও শাস্ত্রগুলির কাছে দুর্বলতা ও কুসংস্কার ছাড়া অন্য কিছু শেখার নেই—এটাই প্রতিপন্ন করছিল, এবং এর প্রভাবে ধর্মবিশ্বাসহীন ও নৈতিক মেরুদণ্ডহীন হয়ে তারা অন্তরে একরকম ও বাইরে অন্যরকম ভাব পোষণ করে দিন দিন স্বার্থপর ও কপটাচারী হয়ে উঠেছিল। মহামনস্বী রাজা রামমোহন রায়-প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজ সেই দেশব্যাপী স্রোতের গতি অল্প কিছুকাল ফেরানোর চেষ্টা করে পরিণামে পাশ্চাত্য ভাবের প্রবল প্রভাবে অন্তর্বিবাদে দুই দলে বিভক্ত ও ক্ষীণ হয়ে পড়েছিল, এবং সেই দুই দলের ব্যক্তিদের মধ্যেও ওই স্রোতে গা ঢেলে দেওয়ার লক্ষণ তখন কিছু কিছু প্রকাশ পাচ্ছিল।
পাশ্চাত্য ন্যায়, বিজ্ঞান ও দর্শনশাস্ত্রে অভিজ্ঞতা লাভ করেও নরেন্দ্রের সত্যলাভ হল না বলে অশান্তি
১৮৮১ খ্রিস্টাব্দে এফ.এ. পরীক্ষার পরে শ্রীযুত নরেন্দ্র পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শনশাস্ত্রের সঙ্গে বিশেষভাবে পরিচিত হয়েছিলেন। মিল-প্রমুখ পাশ্চাত্য নৈয়ায়িকদের মতবাদ তিনি আগেই আয়ত্ত করেছিলেন; এবার—ডেকার্টের ‘অহংবাদ’, হিউম এবং বেনের ‘নাস্তিকতা’, স্পাইনোজার ‘অদ্বৈতচিদ্বস্তুবাদ’, ডারউইনের ‘অভিব্যক্তিবাদ’ ও কোঁতে ও স্পেন্সরের ‘অজ্ঞেয়বাদ’ এবং আদর্শ সমাজের অভিব্যক্তি প্রভৃতি পাশ্চাত্য দার্শনিক মতবাদ আয়ত্ত করে সত্যবস্তু নির্ণয় করার বিষম উৎসাহ তাঁর প্রাণে জেগে উঠল। জার্মান দার্শনিকদের প্রশংসাবাদ শুনে দর্শনের ইতিহাস-গ্রন্থগুলির সাহায্যে তিনি কান্ট, ফিক্টে, হেগেল, শোপেনহাওয়ার প্রভৃতির মতবাদের যথাসম্ভব পরিচয় পাওয়ার চেষ্টাও করেছিলেন। আবার স্নায়ু ও মস্তিষ্কের গঠন ও কার্যপ্রণালীর সঙ্গে পরিচিত হওয়ার জন্য তিনি বন্ধুদের সঙ্গে মধ্যে মধ্যে মেডিকেল কলেজে গিয়ে শারীরবিজ্ঞান সম্বন্ধীয় বক্তৃতা শুনতেন, এবং সেই বিষয়ের গ্রন্থপাঠে মনোনিবেশ করেছিলেন। ফলে ১৮৮৪ খ্রিস্টাব্দে বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগেই তিনি পাশ্চাত্য দর্শনে বিশেষ অভিজ্ঞতা লাভ করেছিলেন। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে নিরপেক্ষ সদ্বস্তু ঈশ্বরের সাক্ষাৎকারলাভের নিশ্চিত উপায় জানতে পারা এবং শান্তিলাভ করা তো দূরের কথা, মানব-মন-বুদ্ধির বিচরণের সীমা, আর সেই সীমা অতিক্রম করে অবস্থিত সত্যবস্তুকে প্রকাশ করতে সেগুলির নিতান্ত অসামর্থ্য স্পষ্ট প্রতীয়মান হওয়ায় তাঁর প্রাণে অশান্তির স্রোত আরও বেগে প্রবাহিত হয়েছিল।
নরেন্দ্রের সন্দেহ—প্রাচ্য অথবা পাশ্চাত্য, কোন প্রথা অনুসারে তত্ত্বানুসন্ধানে অগ্রসর হওয়া কর্তব্য
পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানের সাহায্যে নরেন্দ্র স্পষ্ট হৃদয়ঙ্গম করেছিলেন, ইন্দ্রিয় ও মস্তিষ্কের প্রতিক্রিয়া বা উত্তেজনা মানবমনে প্রতি মুহূর্তে নানা বিকার এনে তাতে সুখদুঃখাদি জ্ঞানের প্রকাশ ঘটাচ্ছে। সেই সব মানসিক বিকারই মানুষ দেশকালাদির মাধ্যমে সাক্ষাৎ-সম্বন্ধে অনুভব করছে, কিন্তু বহির্জগৎ ও তার অন্তর্গত যে-সব বস্তু ওই উত্তেজনা ও বিকারগুলি মানুষের ভিতরে জাগাচ্ছে, সেগুলির যথার্থ স্বরূপ চিরকাল তার কাছে অজ্ঞেয় হয়ে রয়েছে। অন্তর্জগৎ বা মানুষের নিজ স্বরূপ সম্বন্ধেও এ কথা সমানভাবে প্রযোজ্য। সেখানেও দেখা যাচ্ছে, কোনো এক অপূর্ব বস্তু নিজ শক্তিতে মনে অহংজ্ঞান ও নানা ভাবের উদয় ঘটালেও তার স্বরূপ দেশকালের বাইরে থাকায় মানুষ তাকে ধরতে-বুঝতে পারছে না। এভাবে অন্তরে ও বাইরে, যেদিকেই মানব-মন চরম সত্যের অনুসন্ধানে ধাবিত হচ্ছে, সেদিকেই সে দেশকালের দুর্ভেদ্য প্রাচীরে প্রতিহত হয়ে নিজের অকিঞ্চিৎকরত্ব সর্বতোভাবে অনুভব করছে। পঞ্চজ্ঞানেন্দ্রিয় ও মন-বুদ্ধি-রূপ যে যন্ত্রের সাহায্যে মানুষ বিশ্বরহস্য উদ্ঘাটনে ধাবিত হয়েছে, বিশ্বের চরম কারণ প্রকাশ করতে সেই যন্ত্রের অসামর্থ্য—ইন্দ্রিয়জ প্রত্যক্ষ, যার উপর ভিত্তি স্থাপন করে মানুষ সব বিষয়ে অনুমান ও মীমাংসায় ব্যস্ত রয়েছে, তার ভিতরে নিরন্তর ভ্রমপ্রমাদের বর্তমানতা—শরীর ছাড়া আত্মার পৃথক অস্তিত্ব আছে কি না, তা নিরাকরণের জন্য পাশ্চাত্য পণ্ডিতকুলের সব চেষ্টার বিফলতা, প্রভৃতি নানা বিষয় নরেন্দ্রনাথ এভাবে জানতে পেরেছিলেন। সেজন্য আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে পাশ্চাত্য দর্শনের চরম মীমাংসাগুলি তাঁর কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়নি। রূপ-রসাদি বিষয়ভোগে নিরন্তর আসক্ত সাধারণ মানুষের প্রত্যক্ষগুলিকে সহজ ও স্বাভাবিক বলে স্বীকার করে নিয়ে সেগুলিকে ভিত্তি করে পাশ্চাত্যের অনুসরণে দর্শনশাস্ত্র গড়ে তোলা ভালো, না বুদ্ধাদি চরিত্রবান মহাপুরুষদের অসাধারণ প্রত্যক্ষগুলি সাধারণ মানুষের প্রত্যক্ষের বিরোধী হলেও সেগুলিকে সত্য বলে স্বীকার করে ভিত্তি হিসেবে অবলম্বন করে প্রাচ্যের প্রথা অনুসারে দার্শনিক তত্ত্বানুসন্ধানে অগ্রসর হওয়া কর্তব্য—এমন সন্দেহও তাঁর মনে জেগেছিল।
ঈশ্বর বা চরম সত্যলাভের সংকল্প দৃঢ় রেখে নরেন্দ্রের পাশ্চাত্য প্রথার গুণভাগমাত্র গ্রহণ
পাশ্চাত্য দর্শনে বলা আধ্যাত্মিক মীমাংসাগুলির অধিকাংশ নরেন্দ্রনাথের অযুক্তিকর বলে মনে হলেও জড়বিজ্ঞানের আবিষ্কারগুলির এবং পাশ্চাত্যের বিশ্লেষণ-প্রণালীর তিনি ভূয়সী প্রশংসা করতেন, এবং মনোবিজ্ঞানের ও আধ্যাত্মিক রাজ্যের তত্ত্বগুলির পরীক্ষায় সর্বদা সেগুলির সাহায্য নিতেন। ঠাকুরের জীবনের অসাধারণ প্রত্যক্ষগুলি তিনি এই সময় থেকে ওই আবিষ্কার ও প্রণালীর সাহায্যে বিশ্লেষণ করে বুঝতে সর্বদা সচেষ্ট থাকতেন, এবং এমন পরীক্ষায় যে-সব তত্ত্ব প্রতিষ্ঠিত হত, সেগুলিকে সত্য বলে গ্রহণ করে নির্ভয়ে সেগুলির অনুষ্ঠান করতেন। সত্যলাভের জন্য বিষম অস্থিরতা তাঁর প্রাণ অধিকার করলেও, না বুঝে কোনো অনুষ্ঠান শুরু করা এবং কাউকে ভয়ে ভক্তি করা তাঁর একেবারে প্রকৃতিবিরুদ্ধ ছিল। বিচারবুদ্ধিকে যথাশক্তি চালনা করার পরিণাম যদি নাস্তিক্য হয়, তাও তিনি গ্রহণ করতে সম্মত ছিলেন, এবং সংসারে ভোগসুখ তো দূরের কথা, নিজের প্রাণের বিনিময়ে যদি জীবনরহস্যের সমাধান ও সত্যপ্রকাশ ঘটে, তাতেও তিনি পরাঙ্মুখ ছিলেন না। সুতরাং চরম সত্যের অনুসন্ধানে দৃষ্টি নিবদ্ধ রেখে তিনি এই সময়ে নির্ভয়ে পাশ্চাত্য শিক্ষার অনুসরণে ও তার গুণভাগ গ্রহণে নিজেকে নিযুক্ত রেখেছিলেন। সেই শিক্ষার প্রভাবে তিনি বিশ্বাস-ভক্তির সরল পথ পরিত্যাগ করে সময়ে সময়ে নানা সন্দেহজালে নিপীড়িত ও অভিভূত হয়েছিলেন, কিন্তু তাঁর অসাধারণ অধ্যবসায় ও ধীশক্তিই জয়ী হয়ে পরিণামে তাঁকে সত্যলাভে কৃতার্থম্মন্য করেছিল। লোকে কিন্তু তখন প্রায়ই ভেবে বসত, পাশ্চাত্য গ্রন্থে যে-সব মত প্রকাশিত হয়, নরেন্দ্র সে-সবই নির্বিচারে গ্রহণ করেন। পাশ্চাত্য মতের প্রতি তাঁর পক্ষপাতিত্ব এ সময়ে তাঁর বন্ধুদের ভিতর এত প্রসিদ্ধি লাভ করেছিল যে, গীতা অধ্যয়ন করে তিনি যেদিন তাঁদের কাছে তার ভূয়সী প্রশংসা করতে আরম্ভ করলেন, সেদিন তাঁরা বিস্মিত হয়ে তাঁর এমন আচরণের কথা ঠাকুরের কানে তুলেছিলেন। ঠাকুরও তা শুনে জিজ্ঞাসা করেছিলেন, “সাহেবদের মধ্যে কেউ গীতা সম্বন্ধে অমন মত প্রকাশ করেছে বলে সে ওরকম করেনি তো?”
অদ্ভুত দর্শন ও শ্রীগুরুর কৃপায় নরেন্দ্রের আস্তিক্যবুদ্ধি এই সময়ে রক্ষা পায়
পাশ্চাত্য শিক্ষার প্রভাবে অন্তরে বিশেষ ভাব-পরিবর্তন ঘটার আগেই নরেন্দ্রনাথ ঠাকুরের পুণ্যদর্শন লাভ করে কতকগুলি অসাধারণ প্রত্যক্ষের অধিকারী হয়েছিলেন। সেগুলির কথা আমরা ইতিপূর্বেই পাঠককে বলেছি। নরেন্দ্রের আস্তিক্যবুদ্ধিকে সুদৃঢ় রাখতে সেগুলি এই সময়ে বিশেষ সাহায্য করেছিল বলে বোঝা যায়। নইলে পাশ্চাত্যের ভাব ও মতবাদ জগৎ-কারণ ঈশ্বরকে অজ্ঞেয় প্রমাণ করে নরেন্দ্রকে কতদূরে কোথায় নিয়ে যেত, তা নির্ণয় করা দুষ্কর। স্বাভাবিক পুণ্যসংস্কারবশে তাঁর আস্তিক্যবুদ্ধি তাতে একেবারে লোপ না পেলেও তা বিষম বিপর্যস্ত হত বলেই বোধ হয়। কিন্তু তা হওয়ার নয়। নরেন্দ্রের দেবরক্ষিত জীবন বিশেষ কার্য সম্পন্ন করতেই সংসারে এসেছিল, অতএব তেমন হবে কেন? দেবকৃপায় তিনি যাঁর আশ্রয় লাভ করেছিলেন, সেই সদ্গুরুই তাঁকে বারবার বলেছিলেন, “মানুষের সকরুণ প্রার্থনা ঈশ্বর সর্বদা শোনেন, এবং তোমাতে আমাতে যেভাবে বসে কথা বলছি, এর চেয়েও স্পষ্টভাবে তাঁকে দেখা, তাঁর বাণী শোনা ও তাঁকে স্পর্শ করা যায়, এ কথা আমি শপথ করে বলতে প্রস্তুত আছি!” —আবার বলেছিলেন, “সাধারণ-প্রসিদ্ধ ঈশ্বরের যাবতীয় রূপ এবং ভাবকে মানব-কল্পনাপ্রসূত বলে যদি না মানতে পারো, অথচ জগতের নিয়ামক ঈশ্বর একজন আছেন এ কথায় বিশ্বাস থাকে, তা হলে—‘হে ঈশ্বর, তুমি কেমন তা জানি না; তুমি যেমন, তেমনি ভাবে আমাকে দেখা দাও’—এমন কাতর প্রার্থনা করলেও তিনি তা শুনে কৃপা করবেন নিশ্চয়!” ঠাকুরের এই সব কথা নরেন্দ্রনাথকে অশেষ আশ্বাস দিয়ে সাধনায় আরও নিবিষ্ট করেছিল, এ কথা বলা বাহুল্য।
নরেন্দ্রের সাধনা
পাশ্চাত্য দার্শনিক হ্যামিলটন তাঁর লেখা দর্শনগ্রন্থের উপসংহারে বলেছেন, ‘জগতের নিয়ামক ঈশ্বর আছেন, এই সত্যের আভাসমাত্র দিয়ে মানববুদ্ধি নিরস্ত হয়; ঈশ্বর কিংস্বরূপ, তা প্রকাশ করতে তার সামর্থ্যে কুলোয় না; সুতরাং দর্শনশাস্ত্রের এখানেই ইতি—এবং যেখানে দর্শনের ইতি, সেখানেই আধ্যাত্মিকতার আরম্ভ।’ হ্যামিলটনের এই কথা নরেন্দ্রনাথের বিশেষ রুচিকর ছিল, এবং কথাপ্রসঙ্গে তিনি সময়ে সময়ে আমাদের কাছে তা উল্লেখ করতেন। যা হোক, সাধনায় মনোনিবেশ করলেও নরেন্দ্র দর্শনাদি গ্রন্থপাঠ ছেড়ে দেননি। বস্তুত, গ্রন্থপাঠ, ধ্যান ও সংগীতেই তিনি তখন অনেকটা সময় কাটাতেন।
নতুন প্রণালী অবলম্বনে সারারাত ধ্যান
ধ্যানাভ্যাসের এক নতুন পথ তিনি এই সময় থেকে অবলম্বন করেছিলেন। আমরা ইতিপূর্বে বলেছি, সাকার বা নিরাকার যেভাবেই ঈশ্বরকে ভাবি না কেন, মানবীয় ধর্মে ভূষিত করে তাঁকে ভাবা[1] ছাড়া আমাদের গত্যন্তর নেই। এ কথা হৃদয়ঙ্গম করার আগে নরেন্দ্রনাথ ধ্যান করার সময় ব্রাহ্মসমাজের পদ্ধতিতে নিরাকার সগুণ ব্রহ্মের চিন্তায় মনকে নিযুক্ত রাখতেন। ঈশ্বরীয় স্বরূপের এই ধারণা পর্যন্ত মানবীয় কল্পনাদুষ্ট বলে স্থির করে তিনি এবার ধ্যানের সেই অবলম্বনকেও পরিত্যাগ করলেন, এবং ‘হে ঈশ্বর, তুমি তোমার সত্যস্বরূপ দর্শনের আমাকে অধিকারী কর’—এই মর্মে প্রার্থনা করার পর মন থেকে সর্বপ্রকার চিন্তা দূরীভূত করে নিবাতনিষ্কম্প দীপশিখার মতো তাকে নিশ্চল রেখে অবস্থান করার অভ্যাস করতে লাগলেন। অল্পকাল এভাবে করার ফলে নরেন্দ্রনাথের সংযত চিত্ত তাতে এত মগ্ন হয়ে যেত যে, নিজের শরীরের এবং সময়ের জ্ঞান পর্যন্ত মাঝে মাঝে তাঁর লোপ পেত। বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার পরে নিজের ঘরে ধ্যানে বসে তিনি এভাবে অনেক দিন সারারাত কাটিয়েছেন।
এই ধ্যানে অদ্ভুত দর্শন—বুদ্ধদেব
এমন ধ্যানের ফলে একবার নরেন্দ্রনাথের এক দিব্যদর্শন হয়েছিল। প্রসঙ্গক্রমে তিনি একদিন আমাদের তা এইভাবে বলেছিলেন:
“অবলম্বনশূন্য করে মনকে স্থির রাখার সময় অন্তরে একটা প্রশান্ত আনন্দের ধারা প্রবাহিত হতে থাকত। ধ্যানভঙ্গের পরেও তার প্রভাবে একটা নেশার মতো ঝোঁক অনেকক্ষণ পর্যন্ত অনুভব করতাম। সেজন্য সহজে আসন ছেড়ে উঠতে প্রবৃত্তি হত না। ধ্যানাবসানে একদিন সেভাবে বসে থাকার সময় দেখতে পেলাম, দিব্য জ্যোতিতে ঘর পূর্ণ করে এক অপূর্ব সন্ন্যাসিমূর্তি কোথা থেকে সহসা এসে আমার সামনে কিছু দূরে দাঁড়ালেন! তাঁর অঙ্গে গৈরিক বসন, হাতে কমণ্ডলু, এবং মুখমণ্ডলে এমন স্থির প্রশান্ত ও সর্ববিষয়ে উদাসীনতাপ্রসূত একটা অন্তর্মুখী ভাব যে, তা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে স্তম্ভিত করে রাখল। যেন কিছু বলার অভিপ্রায়ে আমার প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখে তিনি ধীর পদক্ষেপে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। তা দেখে ভয়ে সহসা এমন অভিভূত হয়ে পড়লাম যে, আর স্থির থাকতে না পেরে আসন ছেড়ে দরজার খিল খুলে ফেললাম এবং দ্রুত পায়ে ঘরের বাইরে চলে এলাম। পরক্ষণেই মনে হল, এত ভয় কিসের জন্য? সাহসে ভর করে সন্ন্যাসীর কথা শোনার জন্য আবার ঘরের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও আর তাঁকে দেখতে পেলাম না! তখন বিষণ্ণ মনে ভাবতে লাগলাম, তাঁর কথা না শুনে পালানোর দুর্বুদ্ধি আমার কেন হল। সন্ন্যাসী অনেক দেখেছি, কিন্তু অমন অপূর্ব মুখের ভাব কারও কখনও দেখিনি। সে মুখখানি চিরকালের জন্য আমার হৃদয়ে মুদ্রিত হয়ে গেছে। হতে পারে ভ্রম, কিন্তু অনেক সময়ে মনে হয়, বুদ্ধদেবের দর্শনলাভ করে আমি সেদিন ধন্য হয়েছিলাম!”
[1] Anthropomorphic idea of God.
এটর্নির কাজ শেখা
নির্জনবাসে, অধ্যয়নে, তপস্যায় ও দক্ষিণেশ্বরে যাতায়াতে নরেন্দ্রের সময় এভাবে কাটতে লাগল। ভবিষ্যৎ কল্যাণের কথা ভেবে তাঁর পিতা এই সময়ে তাঁকে কলিকাতার সুপ্রসিদ্ধ এটর্নি নিমাইচরণ বসুর অধীনে এটর্নির পেশা শেখার জন্য নিযুক্ত করে দিলেন। ছেলেকে সংসারী করার আশায় শ্রীযুত বিশ্বনাথ এই সময়ে উপযুক্ত পাত্রীর খোঁজও শুরু করলেন। কিন্তু বিয়ে করতে নরেন্দ্রের বিষম আপত্তি থাকায় এবং মনোমত পাত্রীর সন্ধান না পাওয়ায় বিশ্বনাথের সেই আশা সফল হতে দেরি হচ্ছিল।
অখণ্ড ব্রহ্মচর্য পালনে নরেন্দ্রকে ঠাকুরের উপদেশ
রামতনু বসু লেনে নরেন্দ্রের পড়ার ঘরে ঠাকুর কখনও কখনও সহসা এসে পড়তেন এবং সাধনভজন সম্বন্ধে নানাবিধ উপদেশ দিতেন। পিতামাতার সকরুণ অনুরোধে নরেন্দ্র পাছে বিবাহ-বন্ধনে নিজের জীবন চিরকালের মতো আবদ্ধ ও সংকুচিত করে বসেন, সেজন্য তখন তিনি তাঁকে সতর্ক করে ব্রহ্মচর্য-পালনে সতত উৎসাহিত করতেন। বলতেন, “বারো বছর অখণ্ড ব্রহ্মচর্য-পালনের ফলে মানুষের মেধানাড়ি খুলে যায়, তখন তার বুদ্ধি সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলিতে প্রবেশ করতে ও সেগুলির ধারণা করতে সমর্থ হয়; সেই বুদ্ধির সাহায্যেই ঈশ্বরকে সাক্ষাৎ প্রত্যক্ষ করা যায়; তিনি কেবলমাত্র এমন শুভবুদ্ধির গোচর।”
নরেন্দ্রের বাড়ির সকলের ভয়—সন্ন্যাসীর সঙ্গে মিশে সন্ন্যাসী হবে
ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধের ফলেই নরেন্দ্র বিয়ে করতে চায় না—এমন একটা ধারণা এই সময়ে বাড়ির স্ত্রীলোকদের ভিতর জন্মেছিল। নরেন্দ্র বলতেন, “ঠাকুর একদিন পড়ার ঘরে এসে যখন ওইভাবে ব্রহ্মচর্য-পালন করতে আমাকে উপদেশ দিচ্ছিলেন, তখন আমার দিদিমা আড়াল থেকে সব কথা শুনে বাবা-মাকে বলে দিয়েছিলেন। সন্ন্যাসীর সঙ্গে মিশে পাছে আমি সন্ন্যাসী হয়ে যাই—এই ভয়ে তাঁরা সেদিন থেকে আমার বিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করতে লাগলেন। কিন্তু করলে কী হবে, ঠাকুরের প্রবল ইচ্ছার বিরুদ্ধে তাঁদের সব চেষ্টা ভেসে গিয়েছিল। সব বিষয় ঠিক হয়ে যাওয়ার পরেও কয়েক জায়গায় সামান্য কথায় দুই পক্ষের মধ্যে মতদ্বৈধ দেখা দেওয়ায় বিয়ের সম্বন্ধ সহসা ভেঙে গিয়েছিল!”
ঠাকুরের কাছে নরেন্দ্রের আগের মতো যাতায়াত
দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাতায়াত করাটা বাড়ির সকলের পছন্দ না হলেও নরেন্দ্রনাথকে এ নিয়ে কেউ কোনো কথা বলতে কখনও সাহস করেননি। কারণ জনক-জননীর পরম আদরের পুত্র নরেন্দ্র বাল্যকাল থেকে কখনও কারও নিষেধ মেনে চলতেন না, এবং যৌবনে পদার্পণ করার পর থেকে আহার-বিহারাদি সব বিষয়ে অসীম স্বাধীনতা ভোগ করে আসছিলেন। সুতরাং বালক বা তরলমতি যুবককে আমরা যেভাবে নিষেধ করি, প্রখরবুদ্ধি নরেন্দ্রকে তখন সেইভাবে কোনো বিষয়ে নিষেধ করলে ফল বিপরীত হতে পারে, এ কথা তাঁদের সকলের জানা ছিল। সেজন্য নরেন্দ্র আগের মতোই সমানে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাতায়াত করে চললেন।
দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যেভাবে দিন কাটত, সে বিষয়ে নরেন্দ্রের কথা
ঠাকুরের পুণ্যসঙ্গে শ্রীযুত নরেন্দ্র এই সময়ে দক্ষিণেশ্বরে যে-সব দিন কাটিয়েছিলেন, সেগুলির মধুময় স্মৃতি তাঁর অন্তর আজীবন অসীম উল্লাসে পূর্ণ করে রাখত। তিনি বলতেন, “ঠাকুরের কাছে কী আনন্দে দিন কাটত, তা অন্যকে বোঝানো দুষ্কর। খেলা, রঙ্গরস প্রভৃতি সামান্য দৈনন্দিন ব্যাপারগুলির মধ্য দিয়ে তিনি কীভাবে নিরন্তর উচ্চশিক্ষা দিয়ে আমাদের অজ্ঞাতসারে আমাদের আধ্যাত্মিক জীবন গড়ে দিয়েছিলেন, তা এখন ভেবে বিস্ময়ের অবধি থাকে না। বালককে শেখানোর সময় শক্তিশালী মল্ল যেমন নিজেকে সংযত রেখে সেই অনুযায়ী শক্তিমত্তা দেখিয়ে কখনও তাকে যেন অশেষ আয়াসে হারিয়ে, এবং কখনও বা তার কাছে নিজে হেরে গিয়ে তার মনে আত্মপ্রত্যয় জন্মিয়ে দেয়, আমাদের সঙ্গে ব্যবহারে ঠাকুর তখন অনেক সময়ে সেরকম ভাব অবলম্বন করতেন। তিনি বিন্দুর মধ্যে সিন্ধুর বর্তমানতা সর্বদা প্রত্যক্ষ করতেন। আমাদের প্রত্যেকের অন্তর্নিহিত আধ্যাত্মিকতার বীজ ফুল-ফলায়িত হয়ে কালে যে আকার ধারণ করবে, তা তখন থেকেই ভাবমুখে প্রত্যক্ষ করে আমাদের প্রশংসা করতেন, উৎসাহিত করতেন, এবং কোনো বাসনায় আবদ্ধ হয়ে পাছে আমরা জীবনের সেই সফলতা হারিয়ে বসি, সেজন্য বিশেষ সতর্কতার সঙ্গে আমাদের প্রতিটি আচরণ লক্ষ করে উপদেশ প্রদান করে আমাদের সংযত রাখতেন। কিন্তু তিনি যে এভাবে তন্ন তন্ন করে লক্ষ রেখে আমাদের নিত্য নিয়ন্ত্রিত করছেন, এ কথা আমরা কিছুমাত্র জানতে পারতাম না। এটাই ছিল তাঁর শিক্ষাপ্রদান এবং জীবনগঠন করে দেওয়ার অপূর্ব কৌশল। ধ্যান-ধারণার সময় মন কিছুদূর পর্যন্ত অগ্রসর হয়ে আরও একাগ্র হওয়ার অবলম্বন পাচ্ছে না—এটা অনুভব করে আমরা যখন তাঁকে কী কর্তব্য জিজ্ঞাসা করতাম, তখন তিনি এমন অবস্থায় নিজে কী করেছিলেন, তা আমাদের জানিয়ে সে বিষয়ে নানা কৌশল বলে দিতেন। আমার মনে পড়ে, শেষ রাতে ধ্যান করতে বসলে আলমবাজারের চটের কলের বাঁশির শব্দে মন লক্ষ্যভ্রষ্ট ও বিক্ষিপ্ত হয়ে পড়ত। তাঁকে সে কথা বলায় তিনি ওই বাঁশির শব্দেই মন একাগ্র করতে বলেছিলেন, এবং সেইমতো করে বিশেষ ফল পেয়েছিলাম। আর একবার ধ্যান করার সময় শরীর ভুলে মনকে লক্ষ্যে সমাহিত করার পথে বিশেষ বাধা অনুভব করে আমি তাঁর কাছে গেলে, বেদান্তোক্ত সমাধিসাধনের সময় শ্রীমৎ তোতাপুরী তাঁকে কীভাবে ভ্রূমধ্যে মন একাগ্র করতে আদেশ করেছিলেন, সেই কথা উল্লেখ করে তিনি নিজের নখাগ্র দিয়ে আমার ভ্রূমধ্যে তীব্র আঘাত করে বলেছিলেন, ‘ওই বেদনার উপর মনকে একাগ্র কর।’ ফলে দেখেছিলাম, এভাবে সেই আঘাতজনিত বেদনার অনুভবটা যতক্ষণ ইচ্ছা সমানভাবে মনে ধরে রাখা যায়, এবং তখন শরীরের অন্য কোনো অংশে মন বিক্ষিপ্ত হওয়া তো দূরের কথা, সেই অংশগুলির অস্তিত্বের কথা একেবারে ভুলে যাওয়া যায়। ঠাকুরের সাধনার স্থল, নির্জন পঞ্চবটীতলই আমাদের ধ্যান-ধারণা করার বিশেষ উপযোগী স্থান ছিল। শুধু ধ্যান-ধারণা কেন, হাসিখেলাতেও আমরা অনেক সময় সেখানে কাটাতাম। সে-সব সময়েও ঠাকুর আমাদের সঙ্গে যথাসম্ভব যোগ দিয়ে আমাদের আনন্দ বাড়িয়ে দিতেন! আমরা ওখানে দৌড়াদৌড়ি করতাম, গাছে চড়তাম, শক্ত দড়ির মতো ঝুলে থাকা মাধবীলতার বেড়ের মধ্যে বসে দোল খেতাম, এবং কখনও কখনও নিজেরা রান্নাবান্না করে সেখানেই চড়ুইভাতি করতাম। চড়ুইভাতির প্রথম দিনে আমি নিজের হাতে রান্না করেছি দেখে ঠাকুর স্বয়ং সেই ভাত-তরকারি খেয়েছিলেন। তিনি ব্রাহ্মণ ছাড়া অন্য বর্ণের হাতে রাঁধা ভাত খেতে পারেন না জেনে আমি তাঁর জন্য দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির প্রসাদী অন্নের বন্দোবস্ত করছিলাম। কিন্তু তিনি তা করতে নিষেধ করে বলেছিলেন, ‘তোর মতো শুদ্ধসত্ত্বগুণীর হাতে ভাত খেলে কোন দোষ হবে না।’ আমি তা দিতে বারবার আপত্তি করলেও তিনি আমার কথা না শুনে সেদিন আমার হাতে রাঁধা ভাত খেয়েছিলেন।”
ভবনাথ ও নরেন্দ্রের বরাহনগরের বন্ধুরা
শ্রীযুত ভবনাথ চট্টোপাধ্যায় নামে একজন প্রিয়দর্শন ভক্তিমান যুবক ইতিমধ্যে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে নরেন্দ্রনাথের সঙ্গে পরিচিত ও বিশেষ সৌহার্দ্যবন্ধনে আবদ্ধ হয়েছিল। বিনয়, নম্রতা, সরলতা ও বিশ্বাস-ভক্তির জন্য ভবনাথ ঠাকুরের বিশেষ প্রিয় হয়ে উঠেছিল। তার রমণীর মতো কোমল স্বভাব এবং নরেন্দ্রনাথের প্রতি অসাধারণ ভালোবাসা দেখে ঠাকুর কখনও কখনও রসিকতা করে বলতেন, “জন্মান্তরে তুই নরেন্দ্রের জীবনসঙ্গিনী ছিলি বোধ হয়।” ভবনাথ বরাহনগরে থাকত এবং সুবিধা পেলেই নরেন্দ্রনাথকে নিজের বাড়িতে এনে খাওয়াদাওয়া করাত। তার প্রতিবেশী সাতকড়ি লাহিড়ী নরেন্দ্রের সঙ্গে বিশেষভাবে পরিচিত এবং দাশরথি সান্যাল তাঁর সহপাঠী বন্ধু ছিলেন। এঁরাও নরেন্দ্রকে পেলে দিনরাত তাঁর সঙ্গে কাটাতেন। এভাবে দক্ষিণেশ্বরে যাতায়াতের সময় এবং কখনও কখনও বিশেষভাবে নিমন্ত্রিত হয়ে নরেন্দ্রনাথ বরাহনগরে এই বন্ধুদের সঙ্গে মধ্যে মধ্যে কয়েক ঘণ্টা অথবা দু-এক দিন কাটাতেন।
পিতার সহসা মৃত্যুর কথা নরেন্দ্রের বরাহনগরে শোনা
১৮৮৪ খ্রিস্টাব্দের প্রথম দিকে বি.এ. পরীক্ষার ফলাফল জানার কিছু আগে ঘটনাচক্রে নরেন্দ্রনাথের জীবনে বিশেষ পরিবর্তন দেখা দিল। অত্যধিক পরিশ্রমে তাঁর পিতা বিশ্বনাথের শরীর আগেই অবসন্ন হয়ে পড়েছিল; এবার সহসা একদিন রাত ১০টা নাগাদ তিনি হৃদ্রোগে মারা গেলেন। নরেন্দ্র সেদিন নিমন্ত্রিত হয়ে বিকেলে তাঁর বরাহনগরের বন্ধুদের কাছে গিয়েছিলেন, এবং রাত প্রায় এগারোটা পর্যন্ত ভজনাদিতে কাটিয়ে, খাওয়াদাওয়ার পর তাঁদের সঙ্গে এক ঘরে শুয়ে নানাবিধ আলাপ করছিলেন। তাঁর বন্ধু ‘হেমালী’ রাত প্রায় দুটোর সময় সেখানে এসে তাঁকে সেই নিদারুণ বার্তা শোনালেন এবং তাঁকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ কলিকাতায় ফিরলেন।
নরেন্দ্রের সাংসারিক অবস্থার শোচনীয় পরিবর্তন
বাড়িতে ফিরে নরেন্দ্রনাথ পিতার ঔর্ধ্বদেহিক ক্রিয়া সম্পন্ন করলেন, পরে খোঁজখবর করে বুঝলেন, তাঁদের সাংসারিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। পিতা কিছু রেখে যাওয়া তো দূরের কথা, আয়ের চেয়ে নিত্য বেশি খরচ করে কিছু ঋণ রেখে গেছেন; আত্মীয়স্বজন তাঁর পিতার সাহায্যে নিজ নিজ অবস্থার উন্নতি করে নিয়ে এখন সময় বুঝে শত্রুতা করতে এবং এমনকি বসতবাড়ি থেকেও তাঁদের উচ্ছেদ করতে কৃতসংকল্প হয়েছে; সংসারে আয় একরকম নেই বললেই হয়, অথচ পাঁচ-সাতটি প্রাণীর ভরণপোষণ রোজ চালাতেই হবে। চিরসুখপালিত নরেন্দ্রনাথ কিংকর্তব্যবিমূঢ় হয়ে নানা জায়গায় চাকরির খোঁজে ঘুরতে লাগলেন। কিন্তু সময় যখন মন্দ পড়ে, মানুষের শত চেষ্টাতেও তখন কিছুমাত্র ফল হয় না! নরেন্দ্র সর্বত্র বিফলমনোরথ হতে লাগলেন।
সেই অবস্থা সম্বন্ধে নরেন্দ্রের কথা—চাকরির খোঁজ, পরিচিত ধনী ব্যক্তিদের অবজ্ঞা
পিতার মৃত্যুর পরে এক দুই করে তিন-চার মাস কেটে গেল, কিন্তু দুঃখ-দুর্দিনের অবসান হওয়া তো দূরের কথা, আশার রক্তিম ছটায় নরেন্দ্রনাথের জীবনাকাশ একটুও রঞ্জিত হল না। বাস্তবিক, এমন নিবিড় অন্ধকারে তাঁর জীবন আর কখনও আচ্ছন্ন হয়েছিল কি না সন্দেহ। এই সময়ের কথা আলোচনা করে তিনি কখনও কখনও আমাদের বলেছেন:
“মৃতাশৌচ শেষ হওয়ার আগে থেকেই কাজের চেষ্টায় ঘুরতে হয়েছিল। অনাহারে খালি পায়ে চাকরির আবেদন হাতে নিয়ে দুপুরের প্রখর রোদে এক অফিস থেকে আর এক অফিসে ঘুরে বেড়াতাম—অন্তরঙ্গ বন্ধুদের কেউ কেউ দুঃখের দুঃখী হয়ে কোনো দিন সঙ্গে থাকত, কোনো দিন থাকতে পারত না, কিন্তু সব জায়গা থেকেই বিফলমনোরথ হয়ে ফিরতে হয়েছিল। সংসারের সঙ্গে এই প্রথম পরিচয়েই বিশেষভাবে হৃদয়ঙ্গম হচ্ছিল, স্বার্থশূন্য সহানুভূতি এখানে অত্যন্ত বিরল—দুর্বলের, দরিদ্রের এখানে স্থান নেই। দেখতাম, দুদিন আগে যারা আমাকে কোনো বিষয়ে কিছুমাত্র সহায়তা করার সুযোগ পেলে নিজেদের ধন্য মনে করত, সময় বুঝে তারাই এখন আমাকে দেখে মুখ বাঁকাচ্ছে এবং ক্ষমতা থাকলেও সাহায্য করতে পিছিয়ে যাচ্ছে। দেখেশুনে কখনও কখনও সংসারটা দানবের রচনা বলে মনে হত। মনে হয়, এই সময়ে একদিন রোদে ঘুরতে ঘুরতে পায়ের তলায় ফোসকা পড়েছিল, এবং নিতান্ত পরিশ্রান্ত হয়ে গড়ের মাঠে মনুমেন্টের ছায়ায় বসে পড়েছিলাম। দু-একজন বন্ধু সেদিন সঙ্গে ছিল, অথবা ঘটনাক্রমে সেখানে আমার সঙ্গে তাদের দেখা হয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন বোধ হয় আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য গেয়েছিল –
‘বহিছে কৃপাঘন ব্রহ্মনিঃশ্বাস পবনে’ ইত্যাদি।
শুনে মনে হয়েছিল, মাথায় যেন সে গুরুতর আঘাত করছে। মা ও ভাইদের নিতান্ত অসহায় অবস্থার কথা মনে পড়ায় ক্ষোভে, নিরাশায়, অভিমানে বলে উঠেছিলাম, ‘নে, নে, চুপ কর, ক্ষুধার তাড়নায় যাদের আত্মীয়স্বজনকে কষ্ট পেতে হয় না, গ্রাসাচ্ছাদনের অভাব যাদের কখনও সহ্য করতে হয়নি, টানাপাখার হাওয়া খেতে খেতে তাদের কাছে অমন কল্পনা মধুর লাগতে পারে, আমারও একদিন লাগত; কঠোর সত্যের সামনে তা এখন বিষম ব্যঙ্গ বলে বোধ হচ্ছে।’”
দারিদ্র্যের পেষণ
“আমার এমন কথায় সেই বন্ধু বোধ হয় নিতান্ত ক্ষুণ্ণ হয়েছিল—দারিদ্র্যের কী কঠোর পেষণে মুখ থেকে ও কথা বেরিয়েছিল, তা সে বুঝবে কেমন করে! সকালে উঠে গোপনে খোঁজ করে যেদিন বুঝতাম, বাড়িতে সকলের জন্য যথেষ্ট খাবার নেই এবং হাতে পয়সা নেই, সেদিন মাকে ‘আমার নিমন্ত্রণ আছে’ বলে বেরিয়ে যেতাম, এবং কোনো দিন সামান্য কিছু খেয়ে, কোনো দিন উপোস করে কাটিয়ে দিতাম। অভিমানে, ঘরে-বাইরে কারও কাছে সে কথা প্রকাশ করতেও পারতাম না। ধনী বন্ধুদের অনেকে আগের মতো আমাকে তাদের বাড়িতে বা বাগানে নিয়ে গিয়ে গানবাজনা করে তাদের আনন্দ বাড়াতে অনুরোধ করত। এড়াতে না পেরে মধ্যে মধ্যে তাদের সঙ্গে গিয়ে তাদের মনোরঞ্জন করতাম, কিন্তু অন্তরের কথা তাদের কাছে প্রকাশ করতে প্রবৃত্তি হত না—তারাও স্বতঃপ্রবৃত্ত হয়ে সে কথা জানতে কখনও চেষ্টা করেনি। তাদের মধ্যে বিরল দু-একজন কখনও কখনও বলত, ‘তোকে আজ এত বিষণ্ণ ও দুর্বল দেখছি কেন, বল দেখি?’ কেবল একজন আমার অজ্ঞাতে অন্যের কাছ থেকে আমার অবস্থা জেনে নিয়ে বেনামি চিঠিতে মাকে সময়ে সময়ে টাকা পাঠিয়ে আমাকে চিরঋণে আবদ্ধ করেছিল।”
রমণীর প্রলোভন
“যৌবনে পদার্পণ করে যে-সব বাল্যবন্ধু চরিত্রহীন হয়ে অসদুপায়ে যৎসামান্য উপার্জন করছিল, তাদের কেউ কেউ আমার দারিদ্র্যের কথা জানতে পেরে সময় বুঝে আমাকে দলে টানতে চেষ্টা করেছিল। তাদের মধ্যে যারা আগে আমার মতো সহসা অবস্থার পরিবর্তনের মুখে পড়ে একরকম বাধ্য হয়েই জীবনযাত্রা নির্বাহের জন্য হীন পথ অবলম্বন করেছিল, দেখতাম তারা সত্যি সত্যিই আমার জন্য ব্যথিত হয়েছে। সময় বুঝে অবিদ্যারূপিণী মহামায়াও তখন পিছনে লাগতে ছাড়েননি। এক সংগতিপন্না রমণীর আগে থেকেই আমার উপর নজর পড়েছিল। সুযোগ বুঝে সে এবার প্রস্তাব করে পাঠাল, তার সঙ্গে তার সম্পত্তি গ্রহণ করে আমি দারিদ্র্যদুঃখের অবসান করতে পারি! বিষম অবজ্ঞা ও কঠোরতা দেখিয়ে তাকে নিবৃত্ত করতে হয়েছিল। অন্য এক রমণী তেমনই প্রলোভন দেখাতে এলে তাকে বলেছিলাম, ‘বাছা, এই ছাই-ভস্ম শরীরটার তৃপ্তির জন্য এতদিন কত কী তো করলে, মৃত্যু সামনে—তখনকার সম্বল কিছু করেছ কি? হীন বুদ্ধি ছেড়ে ভগবানকে ডাকো।’”
ঈশ্বরের নাম নেওয়ায় মায়ের তিরস্কার
“যা হোক, এত দুঃখকষ্টেও এতদিন আস্তিক্যবুদ্ধির বিলোপ হয়নি, ‘ঈশ্বর মঙ্গলময়’—এ কথাতেও সন্দিহান হইনি। সকালে ঘুম ভাঙলে তাঁকে স্মরণ-মনন করে তাঁর নাম করতে করতে বিছানা ছাড়তাম, এবং আশায় বুক বেঁধে উপার্জনের উপায়ের খোঁজে ঘুরে বেড়াতাম। একদিন এভাবে বিছানা ছাড়ছি, এমন সময়ে পাশের ঘর থেকে মা শুনতে পেয়ে বলে উঠলেন, ‘চুপ কর ছোঁড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান—ভগবান তো সব করলেন!’ কথাগুলিতে মনে বিষম আঘাত পেলাম। স্তম্ভিত হয়ে ভাবতে লাগলাম, ভগবান কি বাস্তবিক আছেন, এবং থাকলেও মানুষের সকরুণ প্রার্থনা কি শোনেন? তবে এত যে প্রার্থনা করি, তার কোনো উত্তর নেই কেন? শিবের সংসারে এত অ-শিব কোথা থেকে এল—মঙ্গলময়ের রাজত্বে এত প্রকার অমঙ্গল কেন? বিদ্যাসাগর মহাশয় পরদুঃখে কাতর হয়ে এক সময় যা বলেছিলেন—ভগবান যদি দয়াময় ও মঙ্গলময় হন, তবে দুর্ভিক্ষের করাল কবলে পড়ে লাখ লাখ লোক দুটি অন্ন না পেয়ে মরে কেন? —সে কথা কঠোর ব্যঙ্গস্বরে কানে প্রতিধ্বনিত হতে লাগল। ঈশ্বরের প্রতি প্রচণ্ড অভিমানে হৃদয় পূর্ণ হল, সুযোগ বুঝে সন্দেহ এসে অন্তর অধিকার করল।”
অভিমানে নাস্তিক্য-বুদ্ধি
“গোপনে কোনো কাজ করা আমার প্রকৃতিবিরুদ্ধ ছিল। বাল্যকাল থেকে কখনও তেমন করা তো দূরের কথা, অন্তরের চিন্তাটি পর্যন্ত ভয়ে বা অন্য কোনো কারণে কারও কাছে কখনও লুকোবার অভ্যাস করিনি। সুতরাং ঈশ্বর নেই, অথবা যদি থাকেন তো তাঁকে ডাকার কোনো সফলতা এবং প্রয়োজন নেই, এ কথা হেঁকে-ডেকে লোকের কাছে সপ্রমাণ করতে এখন এগিয়ে যাব, এতে বিচিত্র কী? ফলে অল্প দিনেই রব উঠল, আমি নাস্তিক হয়েছি এবং দুশ্চরিত্র লোকের সঙ্গে মিশে মদ্যপান করতে ও বেশ্যালয়ে পর্যন্ত যেতে কুণ্ঠিত নই! সঙ্গে সঙ্গে আমারও আবাল্য অনাশ্রব হৃদয় অযথা নিন্দায় কঠিন হয়ে উঠল এবং কেউ জিজ্ঞাসা না করলেও সকলের কাছে বলে বেড়াতে লাগল, এই দুঃখ-কষ্টের সংসারে নিজের দুরদৃষ্টের কথা কিছুক্ষণ ভুলে থাকার জন্য যদি কেউ মদ্যপান করে, অথবা বেশ্যাগৃহে গিয়ে নিজেকে সুখী মনে করে, তাতে আমার যে বিন্দুমাত্র আপত্তি নেই শুধু তা-ই নয়, তেমন করে আমিও তাদের মতো ক্ষণিক সুখভোগী হতে পারি—এ কথা যেদিন নিঃসংশয়ে বুঝতে পারব, সেদিন আমিও তেমন করব, কারও ভয়ে পিছিয়ে যাব না।”
নরেন্দ্রের অধঃপতনে ভক্তদের বিশ্বাস হলেও ঠাকুরের অন্যরকম ধারণা
“কথা কানে হাঁটে। আমার ওইসব কথা নানাভাবে বিকৃত হয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের এবং তাঁর কলিকাতার ভক্তদের কাছে পৌঁছতে দেরি হল না। কেউ কেউ আমার প্রকৃত অবস্থা বুঝে নিতে দেখা করতে এলেন, এবং যা রটেছে তা সম্পূর্ণ না হলেও কতকটা তাঁরা বিশ্বাস করতে প্রস্তুত, ইঙ্গিতে-ইশারায় জানালেন। আমাকে তাঁরা এত হীন ভাবতে পারেন জেনে আমিও দারুণ অভিমানে স্ফীত হয়ে উঠলাম; দণ্ড পাওয়ার ভয়ে ঈশ্বরে বিশ্বাস করা বিষম দুর্বলতা—এ কথা প্রতিপন্ন করলাম, এবং হিউম, বেন, মিল, কোঁতে প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকদের মতামত উদ্ধৃত করে, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ নেই বলে তাঁদের সঙ্গে প্রচণ্ড তর্ক জুড়ে দিলাম। ফলে বুঝতে পারলাম, আমার অধঃপতনে বিশ্বাস আরও দৃঢ় করে তাঁরা বিদায় নিলেন। বুঝে আনন্দিত হলাম, এবং ভাবলাম, ঠাকুরও হয়তো এঁদের মুখে শুনে এমন বিশ্বাস করবেন। এ কথা ভাবামাত্র আবার নিদারুণ অভিমানে অন্তর পূর্ণ হল। ঠিক করলাম, তা করুন—মানুষের ভালোমন্দ মতামতের যখন এতই অল্প মূল্য, তখন তাতে আসে যায় কী? পরে শুনে স্তম্ভিত হলাম, ঠাকুর তাঁদের মুখে সে কথা শুনে প্রথমে হাঁ, না কিছুই বলেননি; পরে ভবনাথ কাঁদতে কাঁদতে তাঁকে সে কথা জানিয়ে যখন বলেছিল, ‘মহাশয়, নরেন্দ্রের এমন হবে এ কথা স্বপ্নেরও অগোচর!’ —তখন বিষম উত্তেজিত হয়ে তিনি তাকে বলেছিলেন, ‘চুপ কর শালারা, মা বলেছেন সে কখনও অমন হতে পারে না; আর কখনও আমাকে ওসব কথা বললে তোদের মুখ দেখতে পারব না!’”
ঘোর অশান্তি
“এভাবে অহংকারে অভিমানে নাস্তিকতা পোষণ করে কী হবে? পরক্ষণেই বাল্যকাল থেকে, বিশেষত ঠাকুরের সঙ্গে সাক্ষাতের পরে, জীবনে যে-সব অদ্ভুত অনুভূতি হয়েছিল, সেগুলির কথা উজ্জ্বল রঙে মনে জেগে ওঠায় ভাবতে থাকতাম—ঈশ্বর নিশ্চয়ই আছেন এবং তাঁকে লাভ করার পথও নিশ্চয়ই আছে, নইলে এই সংসারে প্রাণধারণের কোনো আবশ্যকতাই নেই; দুঃখকষ্ট জীবনে যতই আসুক না কেন, সেই পথ খুঁজে বের করতে হবে। এমনি করে দিনের পর দিন যেতে লাগল, এবং সংশয়ে চিত্ত নিরন্তর দোলায়মান থাকায় শান্তি সুদূরপরাহত হয়ে রইল—সাংসারিক অভাবও হ্রাস পেল না।”
অদ্ভুত দর্শনে নরেন্দ্রের শান্তি
“গ্রীষ্মের পর বর্ষা এল। এখনও আগের মতো কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। একদিন সারা দিন উপবাস করে ও বৃষ্টিতে ভিজে রাতে অবসন্ন পায়ে এবং ততোধিক অবসন্ন মনে বাড়ি ফিরছি, এমন সময় শরীরে এত ক্লান্তি অনুভব করলাম যে, আর এক পা-ও এগোতে না পেরে পাশের বাড়ির রকে জড় পদার্থের মতো পড়ে রইলাম। কিছুক্ষণের জন্য চেতনা লোপ পেয়েছিল কি না বলতে পারি না। এটা কিন্তু স্মরণ আছে, মনে তখন নানা রঙের চিন্তা ও ছবি আপনা থেকে পর পর উদয় ও লয় হচ্ছিল, এবং সেগুলিকে তাড়িয়ে কোনো একটি বিশেষ চিন্তায় মনকে আবদ্ধ রাখব, এমন সামর্থ্য ছিল না। সহসা উপলব্ধি করলাম, কোনো এক দৈবশক্তিপ্রভাবে ভিতরের অনেকগুলি পর্দা যেন একের পর এক উঠে গেল, এবং শিবের সংসারে অ-শিব কেন, ঈশ্বরের কঠোর ন্যায়পরতা ও অপার করুণার সামঞ্জস্য প্রভৃতি যে-সব বিষয় নির্ণয় করতে না পেরে মন এতদিন নানা সন্দেহে আকুল হয়েছিল, সেই সব বিষয়ের স্থির মীমাংসা অন্তরের নিবিড়তম প্রদেশে দেখতে পেলাম। আনন্দে উৎফুল্ল হয়ে উঠলাম। তারপর বাড়ি ফেরার সময় দেখলাম, শরীরে বিন্দুমাত্র ক্লান্তি নেই, মন অমিত বল ও শান্তিতে পূর্ণ, এবং রাত ভোর হতে অল্পই দেরি আছে।”
সন্ন্যাসী হওয়ার সংকল্প ও দক্ষিণেশ্বরে আগমনে ঠাকুরের অদ্ভুত আচরণ
“সংসারের প্রশংসা ও নিন্দায় এই সময় থেকে একেবারে উদাসীন হয়ে গেলাম, এবং সাধারণ মানুষের মতো অর্থোপার্জন করে পরিবারের লোকজনের সেবায় ও ভোগসুখে দিন কাটানোর জন্য আমার জন্ম হয়নি—এ কথায় দৃঢ়বিশ্বাসী হয়ে দক্ষিণেশ্বরে পিতামহের মতো সংসারত্যাগের জন্য গোপনে প্রস্তুত হতে লাগলাম। যাওয়ার দিন ঠিক হলে সংবাদ পেলাম, ঠাকুর সেদিন কলিকাতায় একজন ভক্তের বাড়িতে আসছেন। ভাবলাম, ভালোই হল, গুরুদর্শন করে চিরকালের মতো গৃহত্যাগ করব। ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হওয়ামাত্র তিনি ধরে বসলেন, ‘তোকে আজ আমার সঙ্গে দক্ষিণেশ্বরে যেতে হবে।’ নানা ওজর দেখালাম, তিনি কিছুতেই ছাড়লেন না। অগত্যা তাঁর সঙ্গে চললাম। গাড়িতে তাঁর সঙ্গে বিশেষ কোনো কথা হল না। দক্ষিণেশ্বরে পৌঁছে অন্য সকলের সঙ্গে কিছুক্ষণ তাঁর ঘরের ভিতরে বসে আছি, এমন সময় ঠাকুরের ভাবাবেশ হল। দেখতে দেখতে তিনি সহসা কাছে এসে আমাকে সস্নেহে ধরে সজল নয়নে গাইতে লাগলেন–
কথা কহিতে ডরাই,
না কহিতেও ডরাই,
(আমার) মনে সন্দ হয়,
বুঝি তোমায় হারাই, হা—রাই!”
ঠাকুরের অনুরোধে নিরুদ্দেশ হওয়ার সংকল্প পরিত্যাগ
“অন্তরের প্রবল ভাবরাশি এতক্ষণ সযত্নে রুদ্ধ রেখেছিলাম, আর বেগ সংবরণ করতে পারলাম না–ঠাকুরের মতো আমারও বুক নয়নধারায় ভেসে যেতে লাগল। নিশ্চিত বুঝলাম, ঠাকুর সব কথা জানতে পেরেছেন! আমাদের এই আচরণে অন্য সকলে স্তম্ভিত হয়ে রইল। প্রকৃতিস্থ হওয়ার পরে কেউ কেউ ঠাকুরকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি ঈষৎ হেসে বললেন, ‘আমাদের ও একটা হয়ে গেল।’ পরে রাতে অন্য সবাইকে সরিয়ে আমাকে কাছে ডেকে বললেন, ‘জানি আমি, তুমি মার কাজের জন্য এসেছ, সংসারে কখনই থাকতে পারবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো।’ বলেই ঠাকুর হৃদয়ের আবেগে রুদ্ধকণ্ঠে আবার অশ্রু ফেলতে লাগলেন!”
দৈব সহায়তায় দারিদ্র্য-মোচনের সংকল্প ও সেজন্য ঠাকুরের কাছে জেদ করায়, তাঁর ‘কালীঘরে’ গিয়ে প্রার্থনা করতে বলা
“ঠাকুরের কাছে বিদায় নিয়ে পরদিন বাড়ি ফিরলাম, সঙ্গে সঙ্গে সংসারের শত চিন্তা এসে অন্তর অধিকার করল। আগের মতো নানা চেষ্টায় ঘুরতে লাগলাম। ফলে এটর্নির অফিসে পরিশ্রম করে এবং কয়েকখানি বইয়ের অনুবাদ প্রভৃতি করে সামান্য উপার্জন হওয়ায় কোনোমতে দিন কেটে যেতে লাগল বটে, কিন্তু স্থায়ী কোনো কাজ জুটল না, এবং মা ও ভাইদের ভরণপোষণের একটা সচ্ছল বন্দোবস্তও হয়ে উঠল না। কিছুকাল পরে মনে হল, ঠাকুরের কথা তো ঈশ্বর শোনেন—তাঁকে অনুরোধ করে মা ও ভাইদের খাওয়া-পরার কষ্ট যাতে দূর হয়, এমন প্রার্থনা করিয়ে নেব; আমার জন্য তা করতে তিনি কখনই অস্বীকার করবেন না। দক্ষিণেশ্বরে ছুটলাম এবং নাছোড়বান্দা হয়ে ঠাকুরকে ধরে বসলাম, ‘মা-ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মাকে জানাতে হবে।’ ঠাকুর বললেন, ‘ওরে, আমি যে ওসব কথা বলতে পারি না। তুই জানা না কেন? মাকে মানিস না, সেই জন্যই তোর এত কষ্ট!’ বললাম, ‘আমি ত মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন, বলতেই হবে, আমি কিছুতেই আপনাকে ছাড়ব না।’ ঠাকুর সস্নেহে বললেন, ‘ওরে, আমি যে কতবার বলেছি, মা নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর কর। তুই মাকে মানিস না, সেই জন্যই ত মা শুনে না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাত্রে ‘কালীঘরে’ গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি, মা তোকে তাই দেবেন। মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, ইচ্ছায় জগৎ প্রসব করেছেন, তিনি ইচ্ছা করলে কী না করতে পারেন!’
জগদম্বার দর্শনে সংসার-বিস্মৃতি
“দৃঢ় বিশ্বাস হল, ঠাকুর যখন এ কথা বলেছেন, তখন নিশ্চয়ই প্রার্থনা করামাত্র সব দুঃখের অবসান হবে। প্রবল উৎকণ্ঠায় রাতের প্রতীক্ষা করতে লাগলাম। ক্রমে রাত হল। এক প্রহর কেটে যাওয়ার পর ঠাকুর আমাকে শ্রীমন্দিরে যেতে বললেন। যেতে যেতে একটা গাঢ় নেশায় সমাচ্ছন্ন হয়ে পড়লাম, পা টলতে লাগল, এবং মাকে সত্যি সত্যি দেখতে ও তাঁর শ্রীমুখের বাণী শুনতে পাব, এমন স্থির বিশ্বাসে মন অন্য সব বিষয় ভুলে বিষম একাগ্র ও তন্ময় হয়ে সেই কথাই ভাবতে লাগল। মন্দিরে পৌঁছে দেখলাম, সত্যি সত্যিই মা চিন্ময়ী, সত্যি সত্যিই জীবিতা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রস্রবণস্বরূপিণী। ভক্তি-প্রেমে হৃদয় উচ্ছ্বসিত হল, বিহ্বল হয়ে বারবার প্রণাম করতে করতে বলতে লাগলাম, ‘মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাতে তোমার অবাধ-দর্শন নিত্য লাভ করি, এমন করে দাও!’ শান্তিতে প্রাণ আপ্লুত হল, জগৎ সংসার নিঃশেষে অন্তর্হিত হয়ে গেল, একমাত্র মা-ই হৃদয় পূর্ণ করে রইলেন!”
তিন বার ‘কালীঘরে’ আর্থিক উন্নতি প্রার্থনা করতে যাওয়া ও ভিন্ন ভাবের আচরণ
“ঠাকুরের কাছে ফেরামাত্র তিনি জিজ্ঞাসা করলেন, ‘কী রে, মা’র কাছে সাংসারিক অভাব দূর করার প্রার্থনা করেছিস তো?’ তাঁর প্রশ্নে চমকে উঠে বললাম, ‘না মহাশয়, ভুলে গেছি! তাই তো, এখন কী করি?’ তিনি বললেন, ‘যা, যা, ফের যা, গিয়ে ঐকথা জানিয়ে আয়।’ আবার মন্দিরে চললাম, এবং মা’র সামনে গিয়ে আবার মোহিত হয়ে সব কথা ভুলে গেলাম; বারবার প্রণাম করে জ্ঞান ভক্তি লাভের জন্য প্রার্থনা করে ফিরে এলাম। ঠাকুর হাসতে হাসতে বললেন, ‘কী রে, এবার বলেছিস তো?’ আবার চমকে উঠে বললাম, ‘না মহাশয়, মাকে দেখামাত্র কী এক দৈবীশক্তি প্রভাবে সব কথা ভুলে কেবল জ্ঞান ভক্তি লাভের কথাই বলেছি! কী হবে?’ ঠাকুর বললেন, ‘দুর ছোঁড়া, আপনাকে একটু সামলে ঐ প্রার্থনাটা করতে পারলি না? পারিস ত আর একবার গিয়ে ঐ কথাগুলো জানিয়ে আয়, শীঘ্র যা।’ আবার চললাম, কিন্তু মন্দিরে প্রবেশ করামাত্র দারুণ লজ্জা এসে হৃদয় অধিকার করল। ভাবলাম, এ কী তুচ্ছ কথা মাকে বলতে এসেছি! ঠাকুর যে বলেন, রাজার প্রসন্নতা লাভ করে তার কাছে ‘লাউ কুমড়া ভিক্ষা করা’, এ যে সেইরকম নির্বুদ্ধিতা! এমন হীনবুদ্ধি আমার! লজ্জায় ঘৃণায় বারবার প্রণাম করতে করতে বলতে লাগলাম, ‘অন্য কিছু চাই না মা, কেবল জ্ঞান ভক্তি দাও।’ মন্দিরের বাইরে এসে মনে হল, এ নিশ্চয়ই ঠাকুরের খেলা, নইলে তিন তিনবার মার কাছে এসেও বলা হল না। তারপর তাঁকে ধরে বসলাম, ‘আপনিই নিশ্চিত আমাকে অমন করে ভুলিয়ে দিয়েছেন, এখন আপনাকে বলতে হবে, আমার মা-ভাইদের গ্রাসাচ্ছাদনের অভাব থাকবে না।’ তিনি বললেন, ‘ওরে, আমি যে কারও জন্য ওরকম প্রার্থনা কখনও করতে পারিনি, আমার মুখ দিয়ে যে তা বের হয় না। তোকে বললুম, মার কাছে যা চাইবি তাই পাবি; তুই চাইতে পারলি না, তোর অদৃষ্টে সংসারসুখ নেই, তা আমি কী করব!’ বললাম, ‘তা হবে না মহাশয়, আপনাকে আমার জন্য সে কথা বলতেই হবে; আমার দৃঢ় বিশ্বাস, আপনি বললেই তাদের আর কষ্ট থাকবে না।’ এভাবে যখন তাঁকে কিছুতেই ছাড়লাম না, তখন তিনি বললেন, ‘আচ্ছা যা, তাদের মোটা ভাত-কাপড়ের কখন অভাব হবে না।’”
নরেন্দ্রের প্রতীক ও প্রতিমায় ঈশ্বরোপাসনায় বিশ্বাস ও সেজন্য ঠাকুরের আনন্দ
আগে যা বলা হল, নরেন্দ্রনাথের জীবনে সেটি যে একটি বিশেষ ঘটনা, তা বলতে হবে না। ঈশ্বরের মাতৃভাবের এবং প্রতীক ও প্রতিমায় তাঁকে উপাসনা করার গূঢ় মর্ম এতদিন নরেন্দ্রের হৃদয়ঙ্গম হয়নি। মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীর মূর্তিগুলিকে তিনি আগে অবজ্ঞাই করতেন, কখনও ভক্তিভরে দর্শন করতে পারতেন না। এই সময় থেকে এমন উপাসনার সম্যক রহস্য তাঁর হৃদয়ে প্রতিভাসিত হয়ে তাঁর আধ্যাত্মিক জীবনে আরও পূর্ণতা ও প্রসারতা এনে দিল। ঠাকুর এতে কতখানি আনন্দিত হয়েছিলেন, তা বলে বোঝানো যায় না। আমাদের একজন বন্ধু[1] সেই ঘটনার পরদিন দক্ষিণেশ্বরে এসে যা দেখেছিলেন ও শুনেছিলেন, তা এখানে বললে পাঠক এ কথা বুঝতে পারবেন।
ঠাকুরের এ-বিষয়ক আনন্দ সম্বন্ধে বৈকুণ্ঠনাথের কথা
“তারাপদ ঘোষ নামে একজনের সঙ্গে এক অফিসে কাজ করার সূত্রে আগেই পরিচিত হয়েছিলাম। তারাপদের সঙ্গে নরেন্দ্রনাথের বিশেষ বন্ধুতা ছিল। সেজন্য অফিসে তারাপদের কাছে নরেন্দ্রকে আগে কখনও কখনও দেখেছিলাম। তারাপদ একদিন কথায় কথায় বলেও ছিল, পরমহংসদেব নরেন বাবুকে বিশেষ ভালোবাসেন; তবু আমি নরেন্দ্রের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করিনি। আজ দুপুরে দক্ষিণেশ্বরে এসে দেখলাম, ঠাকুর একা ঘরে বসে আছেন এবং নরেন্দ্র বাইরে এক পাশে শুয়ে ঘুমোচ্ছে। ঠাকুরের মুখ যেন আনন্দে উৎফুল্ল হয়ে রয়েছে। কাছে গিয়ে প্রণাম করামাত্র তিনি নরেন্দ্রনাথকে দেখিয়ে বললেন, ‘ওরে দেখ, ঐ ছেলেটি বড় ভাল, ওর নাম নরেন্দ্র, আগে মাকে মানত না, কাল মেনেছে। কষ্টে পড়েছে তাই মার কাছে টাকা-কড়ি চাইবার কথা বলে দিয়াছিলাম, তা কিন্তু চাইতে পারলে না, বলে, ‘লজ্জা করলে!’ মন্দির থেকে এসে আমাকে বললে মার গান শিখিয়ে দাও-‘মা ত্বং হি তারা’ গানটি[2] শিখিয়ে দিলাম। কাল সমস্ত রাত ঐ গানটা গেয়েছে। তাই এখন ঘুমুচ্ছে। (আহ্লাদে হাসতে হাসতে) নরেন্দ্র কালী মেনেছে, বেশ হয়েছে, লো?’ এ কথা নিয়ে তাঁর বালকের মতো আনন্দ দেখে বললাম, ‘হাঁ, মহাশয়, বেশ হয়েছে।’ কিছুক্ষণ পরে আবার হাসতে হাসতে বললেন, ‘নরেন্দ্র মাকে মেনেছে! বেশ হয়েছে–কেমন?’ এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বারবার সেই কথা বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন।
ঠাকুর যে নরেন্দ্রকে বিশেষ আপন মনে করতেন, তার পরিচায়ক দৃষ্টান্ত
“ঘুম ভাঙলে বেলা প্রায় ৪টার সময় নরেন্দ্র ঘরের ভিতরে ঠাকুরের কাছে এসে বসলেন। মনে হল, এইবার তিনি ঠাকুরের কাছে বিদায় নিয়ে কলিকাতায় ফিরবেন। ঠাকুর কিন্তু তাঁকে দেখেই ভাবাবিষ্ট হয়ে তাঁর গা ঘেঁষে একরকম তাঁর কোলে এসে বসলেন এবং বলতে লাগলেন, (নিজের শরীর ও নরেন্দ্রের শরীর পর পর দেখিয়ে) ‘দেখছি কী এটা আমি, আবার এটাও আমি; সত্য বলছি—কিছুই তফাৎ বুঝতে পারছি না! যেমন গঙ্গার জলে একটা লাঠি ফেলায় দুটো ভাগ দেখাচ্ছে-সত্যসত্য কিন্তু ভাগাভাগি নেই, একটাই রয়েছে। বুঝতে পাচ্চ? তা মা ছাড়া আর কী আছে বল, কেমন?’ এরকম নানা কথার পর বলে উঠলেন, ‘তামাক খাব।’ আমি তাড়াতাড়ি তামাক সেজে তাঁর হুঁকাটি তাঁকে দিলাম। দু-এক টান টেনেই তিনি হুঁকাটি ফিরিয়ে দিলেন, এবং ‘কল্কেতে খাব’ বলে কল্কেটি হাতে নিয়ে টানতে লাগলেন। দু-চার টান টেনে সেটি নরেন্দ্রের মুখের কাছে ধরে বললেন, ‘খা, আমার হাতেই খা।’ নরেন্দ্র সে কথায় বিষম সংকুচিত হওয়ায় ঠাকুর বললেন, ‘তোর ত ভারি হীন বুদ্ধি, তুই আমি কি আলাহিদা? এটাও আমি, ওটাও আমি।’ এ কথা বলে নরেন্দ্রনাথকে তামাক খাইয়ে দেওয়ার জন্য আবার নিজের হাত দুখানি তাঁর মুখের সামনে ধরলেন। অগত্যা নরেন্দ্র ঠাকুরের হাতে মুখ লাগিয়ে দু-তিন বার তামাক টেনে থামলেন। ঠাকুর তাঁকে থামতে দেখে নিজে আবার তামাক খেতে যাচ্ছিলেন। নরেন্দ্র ব্যস্ত হয়ে বলে উঠলেন, ‘মহাশয়, হাতটা ধুয়ে তামাক খান।’ কিন্তু সে কথা শোনে কে? ‘দূর শালা, তোর ত ভারি ভেদবুদ্ধি’ এই কথা বলে ঠাকুর উচ্ছিষ্ট হাতেই তামাক টানতে ও ভাবাবেশে নানা কথা বলতে লাগলেন। খাবারের অগ্রভাগ কাউকে দেওয়া হলে যে ঠাকুর তা উচ্ছিষ্ট বলে কখনও খেতে পারতেন না, নরেন্দ্রের উচ্ছিষ্ট সম্বন্ধে তাঁকে আজ এমন ব্যবহার করতে দেখে আমি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলাম, নরেন্দ্রনাথকে ইনি কতটা আপন মনে করেন।”
নরেন্দ্রের সঙ্গে বৈকুণ্ঠের কলিকাতায় আগমন
“কথায় কথায় রাত প্রায় ৮টা বেজে গেল। তখন ঠাকুরের ভাবের উপশম দেখে নরেন্দ্র ও আমি তাঁর কাছে বিদায় নিয়ে হেঁটে কলিকাতায় ফিরে এলাম। এরপর কতদিন আমরা কলিকাতায় নরেন্দ্রনাথকে বলতে শুনেছি, ‘একা ঠাকুরই কেবল আমাকে প্রথম আসতে দেখার দিন থেকে সব সময় একইভাবে বিশ্বাস করে এসেছেন, আর কেউই নয়—নিজের মা-ভাইরাও নয়। তাঁর অমন বিশ্বাস-ভালোবাসাই আমাকে চিরকালের মতো বেঁধে ফেলেছে! একা তিনিই ভালোবাসতে জানতেন ও পারতেন, সংসারের অন্য সকলে স্বার্থসিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করে বেড়ায়’।”
[1] শ্রীযুত বৈকুণ্ঠনাথ সান্যাল।
[2] (আমার) মা ত্বং হি তারা।
তুমি ত্রিগুণধরা পরাৎপর।
তোরে জানি মা ও দীনদয়াময়ী,
তুমি দুর্গমেতে দুঃখহরা।।
তুমি জলে, তুমি স্থলে,
তুমিই আদ্যমূলে গো মা,
আছ সর্বঘটে, অক্ষপুটে
সাকার আকার নিরাকার।।
তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী,
তুমিই জগদ্ধাত্রী গো মা,
তুমি অকুলের ত্রাণকর্ত্রী
সদাশিবে মনোহরা।।
ঠাকুরের বিশেষ ভক্তদের আগমন—১৮৮৪ খ্রিস্টাব্দের মধ্যে
ঠাকুর যোগদৃষ্টির সাহায্যে যে-সব ভক্তের দক্ষিণেশ্বরে আসার কথা বহু আগে জানতে পেরেছিলেন বলে আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, তারা সকলেই ১৮৮৪ খ্রিস্টাব্দ শেষ হওয়ার আগে তাঁর কাছে এসেছিল। কারণ, ১৮৮৫ খ্রিস্টাব্দের শুরুতে পূর্ণ তাঁর কাছে এসেছিল এবং তাকে কৃপা করার পরে তিনি বলেছিলেন, “এখানে আসবে বলে যাদের দেখেছিলাম, পূর্ণের আগমনে সেই শ্রেণির ভক্তদের আসা সম্পূর্ণ হল; এরপর ওই শ্রেণির আর কেউ এখানে আসবে না!”
সেই সব ভক্তের সঙ্গে মেলামেশায় ঠাকুরের আচরণ
ওই শ্রেণির ভক্তদের মধ্যে অনেকেই আবার ১৮৮৩ খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকে ১৮৮৪ খ্রিস্টাব্দের মধ্যভাগের ভিতরে ঠাকুরের কাছে এসেছিল। নরেন্দ্র তখন সাংসারিক অভাব অনটনের সঙ্গে সংগ্রামে ব্যস্ত এবং রাখাল কিছুদিনের জন্য শ্রীবৃন্দাবন দর্শনে গিয়েছিলেন। এই সব ভক্তের মধ্যে কারও আসার কথা ঠাকুর আশপাশের লোকদের আগেই এভাবে জানিয়ে দিতেন—“আজ (উত্তর দক্ষিণাদি কোনো এক দিক দেখিয়ে) এই দিক থেকে এখানকার একজন আসছে”। কেউ বা আসামাত্র ‘তুমি এখানকার লোক’ বলে তাকে পূর্ব-পরিচিতের মতো সাদরে গ্রহণ করতেন। কোনো ভাগ্যবানের সঙ্গে প্রথম সাক্ষাতের পরে তাকে আবার দেখার, খাওয়ানোর ও তার সঙ্গে একান্তে ধর্মালাপ করার জন্য অধীর হয়ে উঠতেন। কারও স্বভাব সংস্কারাদি লক্ষ করে আগে-আসা সমসংস্কারসম্পন্ন কোনো এক ভক্তের সঙ্গে তাকে পরিচিত করিয়ে, সেই ভক্তের সঙ্গে ধর্মালোচনায় সে যাতে অবসর সময় কাটাতে পারে, তার সুযোগ করে দিতেন। আবার কারও বাড়িতে অযাচিতভাবে গিয়ে সদালাপে অভিভাবকদের সন্তুষ্ট করে, তাঁরা যাতে তাকে মধ্যে মধ্যে ঠাকুরের কাছে আসতে নিষেধ না করেন, সে বিষয়ে পথ পরিষ্কার করে দিতেন।
অধিকারিভেদে ভক্তদের দিব্যভাবাবিষ্ট ঠাকুরের স্পর্শ, মন্ত্রদান ইত্যাদি ও তার ফল
সেই সব ভক্ত আসামাত্র অথবা আসার অল্পদিন পরে ঠাকুর তাদের প্রত্যেককে একান্তে ডেকে ধ্যান করতে বসিয়ে তাদের বক্ষ, জিহ্বা প্রভৃতি শরীরের কোনো কোনো স্থান দিব্যাবেশে স্পর্শ করতেন। সেই শক্তিপূর্ণ স্পর্শে তাদের মন বাইরের বিষয়গুলি থেকে আংশিক বা সম্পূর্ণভাবে সংহৃত ও অন্তর্মুখী হয়ে পড়ত, এবং সঞ্চিত ধর্মসংস্কারগুলি অন্তরে সহসা সজীব হয়ে উঠে সত্যস্বরূপ ঈশ্বরের দর্শনলাভের জন্য তাদের বিশেষভাবে ব্রতী করে তুলত। ফলে, সেই স্পর্শের প্রভাবে কারও দিব্য-জ্যোতিমাত্রের অথবা দেব-দেবীর জ্যোতির্ময় মূর্তির দর্শন, কারও গভীর ধ্যান ও অভূতপূর্ব আনন্দ, কারও হৃদগ্রন্থিগুলি সহসা উন্মোচিত হয়ে ঈশ্বরলাভের জন্য প্রবল ব্যাকুলতা, কারও ভাবাবেশ ও সবিকল্প সমাধি এবং বিরল কারও নির্বিকল্প সমাধির পূর্বাভাস দেখা দিত। তাঁর কাছে এসে এমন জ্যোতির্ময় মূর্তি প্রভৃতির দর্শন কত লোকের যে হয়েছিল, তার ইয়ত্তা নেই। তারকের মনে এভাবে বিষম ব্যাকুলতা ও কান্না উথলে ওঠায় অন্তরের গ্রন্থিগুলি একদিন সহসা উন্মোচিত হয়েছিল, এবং ছোট নরেন সেই স্পর্শের প্রভাবে অল্প সময়ে নিরাকারের ধ্যানে সমাধিস্থ হয়েছিল, এ কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনেছি। কিন্তু এমন স্পর্শে একেবারে নির্বিকল্প অবস্থার আভাস পাওয়া একমাত্র নরেন্দ্রনাথের জীবনেই ঘটতে দেখা গিয়েছিল। ভক্তদের মধ্যে কাউকে কাউকে ঠাকুর ওইভাবে স্পর্শ করা ছাড়া কখনও কখনও আণবী বা মন্ত্রদীক্ষাও দিতেন। সেই দীক্ষা দেওয়ার সময় তিনি সাধারণ গুরুদের মতো শিষ্যের কোষ্ঠী-বিচারাদি নানাবিধ গণনা ও পূজাদি করতেন না। কিন্তু যোগদৃষ্টির সাহায্যে তার জন্মজন্মাগত মানসিক সংস্কারগুলি দেখে ‘তোর এই মন্ত্র’ বলে মন্ত্রনির্দেশ করে দিতেন। নিরঞ্জন, তেজচন্দ্র, বৈকুণ্ঠ প্রভৃতি কয়েকজনকে তিনি এভাবে কৃপা করেছিলেন, এ কথা আমরা তাঁদের কাছে শুনেছি। শাক্ত বা বৈষ্ণব বংশে জন্মপরিগ্রহ করেছে বলেই তিনি কাউকে সেই মন্ত্রে দীক্ষা দিতেন না। কিন্তু অন্তঃসংস্কার নিরীক্ষণ করে শক্ত্যুপাসক কোনো কোনো ব্যক্তিকে বিষ্ণুমন্ত্রে এবং বৈষ্ণব কাউকে বা শক্তিমন্ত্রে দীক্ষিত করতেন। অতএব বোঝা যাচ্ছে, যে ব্যক্তি যেরকম অধিকারী, তা লক্ষ করেই তিনি সর্বদা তার উপযোগী ব্যবস্থা করে দিতেন।
ঠাকুরের দিব্যস্পর্শ যা প্রমাণ করে
ইচ্ছা ও স্পর্শমাত্রে মহাপুরুষেরা অন্তরের আধ্যাত্মিক শক্তি অপরের মধ্যে সংক্রমিত করে তার মনের গতি উচ্চপথে পরিচালিত করে দিতে সমর্থ, এই কথা শাস্ত্রগ্রন্থে লিপিবদ্ধ আছে। অন্তরঙ্গ শিষ্যবর্গের তো কথাই নেই–বেশ্যা লম্পট প্রভৃতি দুষ্কৃতকারীদের জীবনও এভাবে মহাপুরুষদের শক্তিপ্রভাবে পরিবর্তিত হয়েছে। শ্রীকৃষ্ণ, বুদ্ধ, ঈশা, শ্রীচৈতন্য প্রভৃতি যে-সব মহাপুরুষ ঈশ্বরাবতার বলে সংসারে আজ পর্যন্ত পূজিত হয়ে আসছেন, তাঁদের প্রত্যেকের জীবনেই এই শক্তির অল্পবিস্তর প্রকাশ দেখা যায়। কিন্তু শাস্ত্রে এরকম থাকলে কী হবে, ওই শ্রেণির পুরুষদের অলৌকিক কার্যকলাপের সাক্ষাৎ পরিচয় বহুকাল ধরে হারিয়ে সংসার এখন এ বিষয়ে সম্পূর্ণ অবিশ্বাসী হয়ে উঠেছে। ঈশ্বরাবতারে বিশ্বাস করা তো দূরের কথা, ঈশ্বর-বিশ্বাসও এখন অনেক ক্ষেত্রে কুসংস্কারপ্রসূত মানসিক দুর্বলতার পরিচায়ক বলে গণ্য হয়। সাধারণ মানুষের চিত্ত থেকে এই অবিশ্বাস দূর করে তাদের আধ্যাত্মিকভাবসম্পন্ন করে তুলতে ঠাকুরের মতো অলৌকিক পুরুষের সংসারে জন্মপরিগ্রহ করা বর্তমান যুগে একান্ত আবশ্যক হয়েছিল। ওই শক্তির প্রকাশ তাঁর মধ্যে দেখে আমরা এখন পূর্ব পূর্ব যুগের মহাপুরুষদের সম্বন্ধেও এ বিষয়ে বিশ্বাসী হয়ে উঠছি। ঈশ্বরাবতার বলে ঠাকুরকে বিশ্বাস না করলেও, তিনি যে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, ঈশা ও চৈতন্যপ্রমুখ মহাপুরুষদের সমশ্রেণিভুক্ত লোকোত্তর পুরুষ, সেই শক্তি দেখে এ কথা কারও অস্বীকার করার উপায় নেই।
ভক্তদের ঠাকুরকে নিজ নিজ ভাবের লোক বলে ধারণা ও তাদের সঙ্গে ঠাকুরের আচরণ
আগে-দেখা ভক্তদের মধ্যে বালক ও বৃদ্ধ, সংসারী ও অসংসারী, সাকার ও নিরাকারোপাসক, শাক্ত, বৈষ্ণব অথবা অন্য ধর্মসম্প্রদায়ভুক্ত প্রভৃতি নানাবিধ অবস্থার ও অশেষ প্রকার ভাবের লোক ছিল। এমন অশেষ প্রভেদ থাকলেও এক বিষয়ে তারা সকলে সমভাবসম্পন্ন ছিল। প্রত্যেকেই নিজ নিজ মত ও পথে আন্তরিক শ্রদ্ধাসম্পন্ন এবং নিষ্ঠাবান থেকে ঈশ্বরলাভের জন্য অশেষ ত্যাগ স্বীকার করে চলতে সর্বদা প্রস্তুত ছিল। ঠাকুর তাদের নিজের স্নেহপাশে আবদ্ধ করে এবং তাদের ভাব রক্ষা করে সামান্য বা গুরুতর সব বিষয়ে তাদের সঙ্গে এমন ব্যবহার করতেন যে, তারা প্রত্যেকেই অনুমান করত, তিনি সব ধর্মমতে পারদর্শী হলেও সে যে পথে অগ্রসর হচ্ছে, তাতেই তাঁর প্রীতি বেশি। এই ধারণার ফলে তাঁর উপর তাদের ভক্তি ও ভালোবাসার অবধি থাকত না। আবার তাঁর সঙ্গগুণে এবং শিক্ষাদীক্ষার প্রভাবে তারা প্রত্যেকে সংকীর্ণতার গণ্ডিগুলি একে একে অতিক্রম করে উদারভাবসম্পন্ন হওয়ামাত্র তাঁর মধ্যেও সেই ভাবের পূর্ণতা দেখতে পেয়ে বিস্মিত ও মুগ্ধ হত। দৃষ্টান্ত হিসেবে এখানে সামান্য একটি ঘটনার কথা বলছি —
ভক্তদের অন্তরে উদারতা বৃদ্ধির সঙ্গে ঠাকুরকে বুঝতে পারার দৃষ্টান্ত—বলরাম বসু
কলিকাতা বাগবাজারনিবাসী শ্রীযুক্ত বলরাম বসু বৈষ্ণববংশে জন্মপরিগ্রহ করেছিলেন এবং নিজেও পরম বৈষ্ণব ছিলেন। সংসারে থাকলেও ইনি অসংসারী ছিলেন এবং যথেষ্ট ধন-সম্পত্তির অধিকারী হলেও এঁর হৃদয়ে অভিমান কখনও স্থান পায়নি। ঠাকুরের কাছে আসার আগে ইনি সকালে পূজা-পাঠে চার-পাঁচ ঘণ্টা কাটাতেন। অহিংসাধর্ম পালনে তিনি এতটা যত্নবান ছিলেন যে, কীট পতঙ্গাদিকেও কখনও কোনো কারণে আঘাত করতেন না। ঠাকুর তাঁকে দেখেই পূর্বপরিচিতের মতো সাদরে গ্রহণ করে বলেছিলেন, “ইনি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের সাঙ্গোপাঙ্গের অন্যতম– এখানকার লোক; শ্রীঅদ্বৈত ও শ্রীনিত্যানন্দ প্রভুপাদদের সঙ্গে সংকীর্তনে হরিপ্রেমের বন্যা এনে কীভাবে মহাপ্রভু দেশের আবাল-বৃদ্ধ নরনারীকে মাতিয়ে তুলেছিলেন, ভাবাবেশে তা দর্শন করার সময় সেই অদ্ভুত সংকীর্তনদলের মধ্যে এঁকে (বলরামকে) দেখেছিলাম”।
ঠাকুরের দর্শনলাভে বলরামের উন্নতি ও আচরণ
ঠাকুরের পুণ্যদর্শনলাভে বলরামের মন নানাভাবে পরিবর্তিত হয়ে আধ্যাত্মিক রাজ্যে দ্রুতপদে অগ্রসর হয়েছিল। বাহ্যপূজাদি বৈধী ভক্তির সীমা অতিক্রম করে অল্পদিনেই তিনি সম্পূর্ণ নির্ভরশীল ও সদসদ্বিচারবান হয়ে সংসারে থাকতে পেরেছিলেন। স্ত্রী-পুত্র-ধন-জনাদি সর্বস্ব শ্রীভগবানের শ্রীপাদপদ্মে নিবেদন করে দাসের মতো তাঁর সংসারে থেকে তাঁর আজ্ঞা পালন করা এবং ঠাকুরের পূত সঙ্গে যতদূর সম্ভব সময় কাটানোই ক্রমে বলরামের জীবনোদ্দেশ্য হয়ে উঠেছিল। ঠাকুরের কৃপায় নিজে শান্তির অধিকারী হয়েই বলরাম নিশ্চিন্ত থাকতে পারেননি। নিজের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব প্রভৃতি সকলেই যাতে ঠাকুরের কাছে এসে যথার্থ সুখের আস্বাদে পরিতৃপ্ত হয়, সেজন্য তিনি সর্বদা সুযোগ খুঁজে তার ব্যবস্থা করে দিতেন। এভাবে বলরামের আগ্রহে বহু লোক ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভ করে ধন্য হয়েছিল।
বলরামের অহিংসা-ধর্ম সম্বন্ধীয় মতের পরিবর্তনে সংশয়
বাহ্যপূজার বেলায় যেমন, তেমনই অহিংসাধর্মপালন সম্বন্ধেও বলরামের মত কিছুদিন পরে পরিবর্তিত হয়েছিল। আগে অন্য সময়ের কথা দূরে থাক, উপাসনার সময়েও মশা প্রভৃতির জন্য চিত্ত বিক্ষিপ্ত হলে তিনি তাদের আঘাত করতে পারতেন না; মনে হত, তাতে সমূহ ধর্মহানি ঘটবে। এবার এমনই এক সময়ে সহসা একদিন তাঁর মনে জাগল,—সহস্রভাবে বিক্ষিপ্ত চিত্তকে শ্রীভগবানে সমাহিত করাই ধর্ম, অহিংসা ধর্ম। মশা প্রভৃতি কীটপতঙ্গের জীবন রক্ষায় চিত্তকে সতত নিযুক্ত রাখা ধর্ম নয়; অতএব দু-চারটে মশা মেরে কিছুক্ষণের জন্যও যদি শ্রীভগবানে চিত্ত স্থির করা যায়, তাতে অধর্ম হওয়া দূরে থাক, সমধিক লাভই আছে। তিনি বলতেন, “অহিংসাধর্ম পালনে মনের এতকালের আগ্রহ এই ভাবনায় প্রতিহত হলেও চিত্ত এ বিষয়ে সম্পূর্ণভাবে সন্দেহমুক্ত হল না। সুতরাং ঠাকুরকে সে কথা জিজ্ঞাসা করতে দক্ষিণেশ্বরে চললাম। যাওয়ার সময় ভাবতে লাগলাম, অন্য সকলের মতো তাঁকে কোনো দিন মশা ইত্যাদি মারতে দেখেছি কি? মনে হল না; স্মৃতির আলোয় যতদূর দেখতে পেলাম, তাতে আমার চেয়েও তাঁকে অহিংসাব্রতপরায়ণ বলে বোধ হল। মনে পড়ল, দূর্বাদলশ্যামল মাঠের উপর দিয়ে অন্য একজনকে চলে যেতে দেখে নিজের বুকে আঘাত অনুভব করে তিনি একসময় যন্ত্রণায় অধীর হয়েছিলেন—তৃণরাজির ভিতরের জীবনীশক্তি ও চৈতন্য এত সুস্পষ্ট এবং পবিত্রভাবে তাঁর নয়নে প্রতিভাসিত হয়েছিল! ঠিক করলাম, তাঁকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আমার মনই আমাকে প্রতারণা করতে ওই চিন্তা জাগিয়ে তুলেছে। যা হোক, তাঁকে দর্শন করে আসি, মন পবিত্র হবে”।
ঠাকুরের অদৃষ্টপূর্ব আচরণ লক্ষ করে তাঁর সন্দেহভঞ্জন
“দক্ষিণেশ্বরে পৌঁছে ঠাকুরের ঘরের দরজায় গেলাম। কিন্তু ঘরে ঢোকার আগে দূর থেকে তাঁকে যা করতে দেখলাম, তাতে স্তম্ভিত হলাম। দেখলাম, তিনি নিজের বালিশ থেকে ছারপোকা বেছে মারছেন! কাছে গিয়ে তাঁকে প্রণাম করতেই তিনি বললেন, ‘বালিশটাতে বড় ছারপোকা হয়েছে, দিনরাত কামড়ে চিত্তবিক্ষেপ আর ঘুমের ব্যাঘাত করে, সেজন্য মেরে ফেলছি’। জিজ্ঞাসা করার আর কিছুই রইল না, ঠাকুরের কথায় ও কাজে মন নিঃসংশয় হল। কিন্তু স্তম্ভিত হয়ে ভাবতে লাগলাম, গত দু-তিন বছর এঁর কাছে যখন-তখন এসেছি, দিনে এসেছি রাতে ফিরেছি, সন্ধ্যায় এসে রাত প্রায় দ্বিতীয় প্রহরে বিদায় নিয়েছি। প্রতি সপ্তাহে তিন-চার দিন এভাবে আসা-যাওয়া করেছি, কিন্তু একদিনও এঁকে এমন কাজ করতে দেখিনি—এ কেমন করে হল? তখন নিজের অন্তরেই এর মীমাংসা মিলল; বুঝলাম, আগে এঁকে এমন করতে দেখলে আমার ভাব নষ্ট হয়ে এঁর উপর অশ্রদ্ধা জাগত—পরম কারুণিক ঠাকুর সেজন্য এতদিন আমার সামনে কখনও এরকম আচরণ করেননি”।
ঠাকুরের ভক্তসঙ্ঘ ও বালক ভক্তেরা
আগে-দেখা ভক্তদের ছাড়া আরও অনেক নরনারী এই সময়ে ঠাকুরকে দর্শন করে শান্তি লাভের জন্য দক্ষিণেশ্বরে এসেছিল। এদেরও তিনি সস্নেহে গ্রহণ করে কাউকে উপদেশ দান করে, আবার কাউকে বা দিব্যাবেশে স্পর্শ করে কৃতার্থ করেছিলেন। এভাবে যত দিন যাচ্ছিল, ততই তাঁকে আশ্রয় করে এক বৃহৎ ভক্তসঙ্ঘ আপনা থেকে গড়ে উঠছিল। তাদের মধ্যে বালক ও অবিবাহিত যুবকদের ধর্মজীবন গঠনের দিকে তিনি বেশি লক্ষ রাখতেন। এর কারণ দেখিয়ে তিনি বহুবার বলেছেন, “ষোলআনা মন না দিলে ঈশ্বরের পূর্ণদর্শন কখনও লাভ হয় না। বালকদের সম্পূর্ণ মন তাদের কাছে আছে—স্ত্রী পুত্র, ধন সম্পত্তি, মান যশ প্রভৃতি পার্থিব বিষয়ে ছড়িয়ে পড়েনি; এখন থেকে চেষ্টা করলে এরা ষোলআনা মন ঈশ্বরে অর্পণ করে তাঁর দর্শনলাভে কৃতার্থ হতে পারবে—সেজন্যই এদের ধর্মপথে পরিচালিত করতে আমার বেশি আগ্রহ”। সুযোগ দেখলেই ঠাকুর এদের প্রত্যেককে একান্তে নিয়ে গিয়ে যোগধ্যানাদি ধর্মের উচ্চাঙ্গগুলির এবং বিবাহবন্ধনে আবদ্ধ না হয়ে অখণ্ড ব্রহ্মচর্য পালনের উপদেশ দিতেন। অধিকারী নির্বাচন করে এদেরও তিনি ভিন্ন ভিন্ন উপাস্য নির্দেশ করে দিতেন, এবং শান্তদাস্যাদি যে ভাবের সম্বন্ধ ইষ্টদেবতার সঙ্গে পাতিয়ে নিলে তারা প্রত্যেকে উন্নতির পথে সহজে অগ্রসর হতে পারবে, সে বিষয়ে উপদেশ দিতেন।
গৃহী ভক্তদের ও সাধারণ নরনারীকে ঠাকুর যেভাবে উপদেশ দিতেন
বালকদের শিক্ষাপ্রদানে ঠাকুরের সমধিক আগ্রহের কথা শুনে কেউ যেন ভেবে না বসেন, সংসারী গৃহস্থ ভক্তদের প্রতি তাঁর কৃপা ও করুণা কম ছিল। উচ্চাঙ্গের ধর্মতত্ত্বগুলির অভ্যাস ও অনুশীলনের সময় ও সামর্থ্য তাদের অনেকের নেই দেখেই তিনি তাদের সেসব করতে বলতেন না। কিন্তু কাম-কাঞ্চন-ভোগবাসনা ধীরে ধীরে কমিয়ে ভক্তিমার্গ দিয়ে তারা যাতে কালক্রমে ঈশ্বরলাভে ধন্য হতে পারে, সেভাবেই তাদের সর্বদা পরিচালিত করতেন। ধনী লোকের বাড়ির দাসদাসীদের মতো মমতা বর্জন করে ঈশ্বরের সংসারে থাকতে ও নিজ নিজ কর্তব্য পালন করতে তিনি তাদের সবার আগে উপদেশ দিতেন। “দু-একটি সন্তান জন্মানোর পরে ঈশ্বরে চিত্ত অর্পণ করে ভ্রাতা-ভগ্নীর মতো স্ত্রী-পুরুষের সংসারে থাকা কর্তব্য”—ইত্যাদি বলে যথাসাধ্য ব্রহ্মচর্য রক্ষা করতে তাদের উৎসাহিত করতেন। তা ছাড়া, সবসময় সত্যপথে থেকে সকলের সঙ্গে সরল ব্যবহার করতে, বিলাসিতা বর্জন করে ‘মোটা ভাত মোটা কাপড়’ মাত্র পেয়ে সন্তুষ্ট থেকে শ্রীভগবানের দিকে সর্বদা দৃষ্টি নিবদ্ধ রাখতে, এবং প্রতিদিন দুই সন্ধ্যা ঈশ্বরের স্মরণ-মনন, পূজা, জপ ও সংকীর্তনাদি করতে তিনি তাদের উদ্যোগী করে তুলতেন। গৃহস্থদের মধ্যে যাদের এসব করতেও অসমর্থ বলে বুঝতেন, তাদের সন্ধ্যায় একান্তে বসে হাততালি দিয়ে হরিনাম করতে এবং আত্মীয় বন্ধুবান্ধবদের সঙ্গে মিলিত হয়ে নাম-সংকীর্তন করতে উপদেশ দিতেন। সাধারণ নরনারীকে একসঙ্গে উপদেশ দেওয়ার সময় আমরা তাঁকে প্রায়ই এ কথা এভাবে বলতে শুনেছি, কলিতে কেবলমাত্র নারদীয়-ভক্তি–উচ্চরোলে নামকীর্তন করলেই জীব উদ্ধার হবে; কলির জীব অন্নগতপ্রাণ, অল্পায়ু, স্বল্পশক্তি—সেজন্যই ধর্মলাভের এত সহজ পথ তাদের জন্য নির্দিষ্ট হয়েছে। আবার যোগধ্যানাদি কঠোর সাধনমার্গের কথাগুলি শুনে পাছে তারা ভগ্নোৎসাহ হয়, এজন্য কখনও কখনও বলতেন, “যে সন্ন্যাসী হয়েছে সে তো ভগবানকে ডাকবেই। কারণ, সেজন্যই তো সে সংসারের সব কর্তব্য ছেড়ে এসেছে– সে যে ওরকম করে, তাতে বাহাদুরি বা অসাধারণত্ব কী আছে? কিন্তু যে সংসারে পিতা, মাতা, স্ত্রী, পুত্রাদির প্রতি কর্তব্যের বিষম ভার ঘাড়ে করে চলতে চলতে একবারও তাঁকে স্মরণ-মনন করে, ঈশ্বর তার প্রতি বিশেষ প্রসন্ন হন, ভাবেন, ‘এত বড় বোঝা কাঁধে থাকা সত্ত্বেও এই ব্যক্তি যে আমাকে এতটুকুও ডাকতে পেরেছে, এ কম বাহাদুরি নয়, এই ব্যক্তি বীরভক্ত’”।
নরেন্দ্রকে ঠাকুরের সব ভক্তের চেয়ে উচ্চাসন প্রদান
নবাগত শ্রেণিভুক্ত নরনারীদের তো কথাই নেই, আগে-দেখা ভক্তদের ভিতরেও ঠাকুর নরেন্দ্রনাথকে কত উচ্চাসন দিতেন, তা বলা যায় না। তাদের মধ্যে কয়েকজনকে দেখিয়ে তিনি বলতেন, এরা ঈশ্বরকোটি, অথবা শ্রীভগবানের কোনো বিশেষ কাজ সাধন করার জন্য সংসারে জন্মপরিগ্রহ করেছে। সেই কয়েকজনের সঙ্গে নরেন্দ্রের তুলনা করে তিনি একদিন আমাদের বলেছিলেন, “নরেন্দ্র যেন সহস্রদল কমল; এই কয়েকজনকে সেই জাতের ফুল বলা গেলেও, এদের কেউ দশ, কেউ পনেরো, কেউ বা বড় জোর বিশ দলের”। অন্য এক সময়ে বলেছিলেন, “এত সব লোক এখানে এল, নরেন্দ্রের মতো একজনও কিন্তু আর এল না।” দেখাও যেত, ঠাকুরের অদ্ভুত জীবনের অলৌকিক কার্যাবলির এবং প্রতিটি কথার যথাযথ মর্ম গ্রহণ ও প্রকাশ করতে নরেন্দ্র যতদূর সমর্থ ছিলেন, অন্য কেউই তেমন ছিল না। তখন থেকেই নরেন্দ্রের কাছে ঠাকুরের কথাগুলি শুনে আমরা সকলে সময়ে সময়ে স্তম্ভিত হয়ে ভাবতাম, তাই তো, এসব কথা আমরাও ঠাকুরের কাছে শুনেছি, কিন্তু তার ভিতরে যে এত গভীর অর্থ রয়েছে, তা তো বুঝতে পারিনি! দৃষ্টান্ত হিসেবে এখানে তেমন একটি কথার উল্লেখ করছি—
ঠাকুরকে নরেন্দ্রের সবচেয়ে বেশি বুঝতে পারার দৃষ্টান্ত—‘শিবজ্ঞানে জীবসেবা’
১৮৮৪ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে আমাদের একজন বন্ধু দক্ষিণেশ্বরে গিয়ে দেখলেন, ঠাকুর ঘরের ভিতরে ভক্তপরিবৃত হয়ে বসে আছেন। শ্রীযুত নরেন্দ্রও সেখানে উপস্থিত। নানা সদালাপ এবং মাঝে মাঝে নির্দোষ রঙ্গরসের কথাবার্তাও চলছে। কথাপ্রসঙ্গে বৈষ্ণব ধর্মের কথা উঠল এবং সেই মতের সারমর্ম সমবেত সকলকে সংক্ষেপে বুঝিয়ে ঠাকুর বললেন, “ওই মত তিনটি বিষয় পালনে নিরন্তর যত্নবান থাকতে উপদেশ দেয়–নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব-পূজন। যেই নাম সেই ঈশ্বর–নাম-নামী অভেদ জেনে সর্বদা অনুরাগের সঙ্গে নাম করবে; ভক্ত ও ভগবান, কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জেনে সর্বদা সাধু-ভক্তদের শ্রদ্ধা, পূজা ও বন্দনা করবে; এবং কৃষ্ণেরই জগৎ-সংসার, এ কথা হৃদয়ে ধারণা করে সর্বজীবে দয়া” (প্রকাশ করবে)। ‘সর্ব জীবে দয়া’ পর্যন্ত বলেই তিনি সহসা সমাধিস্থ হয়ে পড়লেন! কিছুক্ষণ পরে অর্ধবাহ্যদশায় এসে বলতে লাগলেন, “জীবে দয়া–জীবে দয়া? দুর শালা! কীটানুকীট তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না, না, জীবে দয়া নয়—শিবজ্ঞানে জীবের সেবা!”
ঠাকুরের সেই কথায় নরেন্দ্রের অদ্ভুত আলো দেখা ও তা বুঝিয়ে বলা
ভাবাবিষ্ট ঠাকুরের সেই কথা সকলে শুনে গেল বটে, কিন্তু তার গূঢ় মর্ম কেউই তখন বুঝতে ও ধারণা করতে পারল না। একমাত্র নরেন্দ্রনাথই সেদিন ঠাকুরের ভাবভঙ্গের পরে বাইরে এসে বললেন, “কী অদ্ভুত আলোই আজ ঠাকুরের কথায় দেখতে পেলাম! শুষ্ক, কঠোর ও নির্মম বলে প্রসিদ্ধ বেদান্তজ্ঞানকে ভক্তির সঙ্গে মিলিয়ে কী সহজ, সরস ও মধুর আলোই দেখালেন! অদ্বৈতজ্ঞান লাভ করতে হলে সংসার ও লোকসঙ্গ সর্বতোভাবে বর্জন করে বনে যেতে হবে এবং ভক্তি ভালোবাসা প্রভৃতি কোমল ভাবগুলিকে হৃদয় থেকে সবলে উৎপাটিত করে চিরকালের মতো দূরে নিক্ষেপ করতে হবে—এই কথাই এতকাল শুনে এসেছি। ফলে ওইভাবে সেই জ্ঞান লাভ করতে গিয়ে সাধক জগৎ-সংসার ও তার ভিতরের প্রত্যেক ব্যক্তিকে ধর্মপথের অন্তরায় বলে জানে, তাদের উপর তার ঘৃণা জেগে ওঠে, আর বিপথে যাওয়ার বিশেষ সম্ভাবনা থাকে। কিন্তু ঠাকুর আজ ভাবাবেশে যা বললেন, তাতে বোঝা গেল—বনের বেদান্তকে ঘরে আনা যায়, সংসারের সব কাজে তাকে অবলম্বন করা যায়। মানুষ যা করছে, সে সবই করুক, তাতে ক্ষতি নেই, কেবল প্রাণ দিয়ে এই কথা সবার আগে বিশ্বাস ও ধারণা করলেই হল—ঈশ্বরই জীব ও জগৎরূপে তার সামনে প্রকাশিত রয়েছেন। জীবনের প্রতি মুহূর্তে সে যাদের সংস্পর্শে আসছে, যাদের ভালোবাসছে, যাদের শ্রদ্ধা, সম্মান অথবা দয়া করছে, তারা সকলেই তাঁর অংশ– তিনি। সংসারের সব ব্যক্তিকে যদি সে এভাবে শিবজ্ঞান করতে পারে, তা হলে নিজেকে বড় ভেবে তাদের প্রতি রাগ, দ্বেষ, দম্ভ অথবা দয়া করার অবকাশ তার কোথায়? এমনি করে শিবজ্ঞানে জীবের সেবা করতে করতে চিত্ত শুদ্ধ হলে সে অল্প সময়ের মধ্যে নিজেকেও চিদানন্দময় ঈশ্বরের অংশ, শুদ্ধবুদ্ধমুক্ত স্বভাব বলে ধারণা করতে পারবে।
“ঠাকুরের এই কথায় ভক্তিপথেও বিশেষ আলো দেখা যায়। সর্বভূতে ঈশ্বরকে যতদিন না দেখা যায়, ততদিন যথার্থ ভক্তি বা পরাভক্তি-লাভ সাধকের পক্ষে সুদূরপরাহত থাকে। শিব বা নারায়ণ জ্ঞানে জীবের সেবা করলে ঈশ্বরকে সকলের ভিতর দর্শন করে যথার্থ ভক্তিলাভে ভক্তসাধক অল্পদিনেই কৃতকৃতার্থ হবে, এ কথা বলা বাহুল্য। কর্ম বা রাজযোগ অবলম্বন করে যে-সব সাধক অগ্রসর হচ্ছে, তারাও এ কথায় বিশেষ আলো পাবে। কারণ, কর্ম না করে দেহী যখন একদণ্ডও থাকতে পারে না, তখন শিবজ্ঞানে জীবসেবা-রূপ কর্মানুষ্ঠানই যে কর্তব্য এবং তা করলেই সে শীঘ্রই নিজের লক্ষ্যে পৌঁছবে, এ কথা বলতে হবে না। যা হোক, ভগবান যদি কখনও দিন দেন তো আজ যা শুনলাম, এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করব–পণ্ডিত মূর্খ, ধনী দরিদ্র, ব্রাহ্মণ চণ্ডাল, সকলকে শুনিয়ে মোহিত করব।”
লোকোত্তর ঠাকুর এভাবে সমাধিরাজ্যে নিরন্তর প্রবিষ্ট হয়ে জ্ঞান, প্রেম, যোগ ও কর্ম সম্বন্ধে অদৃষ্টপূর্ব আলো প্রতিনিয়ত এনে মানুষের জীবনপথ সমুজ্জ্বল করতেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা তাঁর কথা তখন ধারণা করতে পারতাম না। মনস্বী নরেন্দ্রনাথই কেবল সেই সব দেববাণী যথাসাধ্য হৃদয়ঙ্গম করতেন, এবং সময়ে সময়ে তা প্রকাশ করে আমাদের স্তম্ভিত করতেন।
নরেন্দ্রের শিক্ষকের পদ গ্রহণ
পরিবারের লোকজনের গ্রাসাচ্ছাদনের কষ্ট নিবারণের জন্য নরেন্দ্রনাথ কীভাবে অবশেষে ঠাকুরের শরণাপন্ন হয়ে ‘মোটা ভাত মোটা কাপড়ের অভাব থাকবে না’—এই বর লাভ করেছিলেন, তা আমরা ইতিপূর্বে বলেছি। তারপর থেকে তাঁর অবস্থা ক্রমশ বদলে গিয়েছিল, এবং সচ্ছল না হলেও আগের মতো দারুণ অভাব সংসারে আর কখনও হয়নি। সেই ঘটনার অল্পদিন পরে কলিকাতার চাঁপাতলা নামের পাড়ায় মেট্রোপলিটান্ বিদ্যালয়ের একটি শাখা স্থাপিত হয়, এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুগ্রহে তিনি সেখানে প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হন। সম্ভবত ১৮৮৫ খ্রিস্টাব্দের মে মাস থেকে তিন-চার মাস তিনি সেখানে শিক্ষকতা করেছিলেন।
জ্ঞাতিদের শত্রুতা, ঠাকুরের রোহিণী রোগ, শিক্ষকতা পরিত্যাগ
সাংসারিক অবস্থার সামান্য উন্নতি হলেও জ্ঞাতিদের শত্রুতাচরণে নরেন্দ্রনাথকে এই সময়ে ব্যতিব্যস্ত হতে হয়েছিল। সময় বুঝে তারা তাঁর পৈতৃক ভিটার ভালো ভালো ঘর এবং জায়গাগুলি ছলে বলে কৌশলে দখল করেছিল। সেজন্য তাঁকে তখন কিছুদিনের জন্য সেই বাড়ি ছেড়ে রামতনু বসুর লেনে তাঁর দিদিমার বাড়িতে বাস করতে হয়েছিল, এবং ন্যায্য অধিকার লাভের জন্য জ্ঞাতিদের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ এনে সব বিষয়ের বন্দোবস্ত করতে হয়েছিল। তাঁর পিতৃবন্ধু এটর্নি নিমাইচরণ বসু মহাশয় এ ব্যাপারে তাঁকে বিশেষ সাহায্য করেছিলেন। মোকদ্দমার তদ্বিরে অনেক সময় কাটাতে হবে বুঝে এবং ওকালতি (বি,এল) পরীক্ষা দেওয়ার সময় হয়ে এসেছে জেনে তিনি ১৮৮৫ খ্রিস্টাব্দের আগস্ট মাসে শিক্ষকতার কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। এর আর একটি গুরুতর কারণও ছিল—ঠাকুর তখন রোহিণী (গলরোগ) রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং তা ক্রমশ বেড়ে চলায় নরেন্দ্র নিজে উপস্থিত থেকে তাঁর চিকিৎসা ও সেবা-শুশ্রূষার বন্দোবস্ত করার প্রয়োজন অনুভব করেছিলেন।
বেশি বরফ ব্যবহারে ঠাকুরের অসুস্থতা
১৮৮৫ খ্রিস্টাব্দের প্রচণ্ড গরমে ঠাকুরকে বিশেষ কষ্ট পেতে দেখে ভক্তেরা তাঁকে বরফ ব্যবহার করতে অনুরোধ করেছিল। বরফ খেয়ে তাঁকে স্বচ্ছন্দ বোধ করতে দেখে অনেকে এই সময়ে দক্ষিণেশ্বরে বরফ নিয়ে যেতে লাগল, এবং সরবত প্রভৃতি পানীয়ের সঙ্গে সর্বদা তা ব্যবহার করে তিনি বালকের মতো আনন্দ করতে লাগলেন। কিন্তু দু-এক মাস এভাবে চলার পরে তাঁর গলায় বেদনা দেখা দিল। বোধ হয় চৈত্র মাসের শেষে অথবা বৈশাখের শুরুতে তিনি সেই বেদনা প্রথম অনুভব করেছিলেন।
বেশি কথা বলায় ও ভাবাবেশে রোগবৃদ্ধি
মাসখানেক কেটে গেলেও সেই বেদনার উপশম হল না, এবং জ্যৈষ্ঠ মাসের অর্ধেক যেতে না যেতে তা এক নতুন আকার নিল—বেশি কথা বললে এবং সমাধিস্থ হওয়ার পরে বেদনা বাড়তে লাগল। ঠান্ডা লেগে তাঁর কণ্ঠতালু ঈষৎ স্ফীত হয়েছে ভেবে প্রথমে সামান্য প্রলেপের ব্যবস্থা হল। কিন্তু কয়েক দিন ওষুধ প্রয়োগেও ফল পাওয়া গেল না দেখে একজন ভক্ত বহুবাজারের রাখাল ডাক্তারকে ডেকে আনল—এমন ব্যাধি আরোগ্য করায় তাঁর দক্ষতার কথা সে শুনেছিল। ডাক্তার রোগনির্ণয় করে গলার ভিতরে এবং বাইরে লাগানোর অন্য ওষুধ ও মালিশের বন্দোবস্ত করলেন, এবং ঠাকুর যাতে কয়েক দিন বেশি কথা না বলেন ও বারবার সমাধিস্থ না হন, সেদিকে আমাদের যথাসম্ভব লক্ষ রাখতে বললেন।
পাণিহাটির মহোৎসবের ইতিহাস
ক্রমে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী প্রায় এসে পড়ল। কলিকাতার কয়েক মাইল উত্তরে অবস্থিত গঙ্গাতীরের পাণিহাটি গ্রামে প্রতি বছর সেই দিনে বৈষ্ণব সম্প্রদায়ের বিশেষ মেলা হয়। শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদদের অন্যতম শ্রীরঘুনাথ দাস গোস্বামীর জ্বলন্ত ত্যাগ বৈরাগ্যের কথা বঙ্গে চিরস্মরণীয় হয়ে রয়েছে। পরমা সুন্দরী স্ত্রী ও অতুল বৈভব ত্যাগ করে পিতার একমাত্র পুত্র রঘুনাথ শ্রীচৈতন্যদেবের চরণাশ্রয়ের ইচ্ছায় যখন প্রথম শান্তিপুরে আসেন, তখন মহাপ্রভু তাঁকে ‘মর্কট বৈরাগ্য’[1] পরিত্যাগ করে কিছুকালের জন্য গৃহে থাকতে আদেশ করেছিলেন। রঘুনাথ, মহাপ্রভুর সেই আদেশ শিরোধার্য করে গৃহে ফিরে আসেন, এবং সংসার ত্যাগ করার প্রবল বাসনা অন্তরে লুকিয়ে রেখে সাধারণ মানুষের মতো বিষয়কার্যের পরিচালনা প্রভৃতি সাংসারিক সব বিষয়ে পিতা ও পিতৃব্যকে সাহায্য করতে থাকেন। এভাবে চললেও তিনি মধ্যে মধ্যে শ্রীচৈতন্য-পার্ষদদের না দেখে থাকতে পারতেন না, এবং পিতার অনুমতি নিয়ে কখনও কখনও তাঁদের কাছে গিয়ে কয়েক দিন তাঁদের পূতসঙ্গে কাটিয়ে বাড়িতে ফিরে যেতেন। এমনি করে দিন যেতে লাগল, এবং ত্যাগের সুযোগ খুঁজতে খুঁজতে রঘুনাথ সংসারে কাল কাটাতে লাগলেন। ক্রমে শ্রীগৌরাঙ্গ সন্ন্যাস নিয়ে নীলাচলে বাস করলেন, এবং নিত্যানন্দ বৈষ্ণবধর্ম প্রচারের ভার পেয়ে গঙ্গাতীরের খড়দহ গ্রামকে প্রধান কেন্দ্র করে বঙ্গের নানা স্থানে পরিভ্রমণ ও নামসংকীর্তনাদির মধ্য দিয়ে বহু লোককে সেই ধর্মে দীক্ষিত করতে লাগলেন।
সাঙ্গোপাঙ্গ-পরিবৃত শ্রীনিত্যানন্দ ধর্মপ্রচারের জন্য এক সময়ে যখন পাণিহাটি গ্রামে ছিলেন, তখন রঘুনাথ তাঁকে দর্শন করতে আসেন, এবং দেবতাকে চিড়ে, দই, দুধ, চিনি, কলা প্রভৃতি নিবেদন করে ভক্তমণ্ডলীসহ তাঁকে ভোজন করানোর আদেশ পান। রঘুনাথ সানন্দে তাতে সম্মত হয়ে শ্রীনিত্যানন্দ প্রভুকে দর্শন করতে সমাগত শত শত লোককে সেদিন ভাগীরথীতীরে ভোজন করিয়ে পরিতৃপ্ত করেন। উৎসবের শেষে রঘুনাথ প্রণাম করে বিদায় নিতে গেলে নিত্যানন্দ প্রভু ভাবাবেশে তাঁকে আলিঙ্গন করে বললেন, ‘কাল পূর্ণ হয়েছে, সংসার ত্যাগ করে নীলাচলে শ্রীমহাপ্রভুর কাছে গেলে তিনি তোমাকে এখন আশ্রয় দেবেন, এবং ধর্মজীবন সম্পূর্ণ করার জন্য সনাতন গোস্বামীর হাতে তোমার শিক্ষার ভার অর্পণ করবেন’। নিত্যানন্দ প্রভুপাদের এমন আদেশে রঘুনাথের উল্লাসের অবধি রইল না, এবং বাড়িতে ফেরার অল্পদিন পরে তিনি চিরকালের মতো সংসার ত্যাগ করে নীলাচলে চলে গেলেন। রঘুনাথ চলে গেলেন, কিন্তু বৈষ্ণব ভক্তেরা তাঁর কথা চিরকাল মনে রেখে সেই থেকে প্রতি বছর ওই দিনে পাণিহাটি গ্রামে গঙ্গাতীরে সমাগত হয়ে তাঁর মতো ভগবৎপ্রসন্নতা লাভের জন্য শ্রীগৌরাঙ্গ ও শ্রীনিত্যানন্দ প্রভুপাদের উদ্দেশে সেইরকম উৎসব করতে লাগলেন। কালক্রমে সেটি পাণিহাটির ‘চিড়ার মহোৎসব’ নামে ভক্ত-সমাজে খ্যাতি লাভ করল।
ঠাকুরের সেই মহোৎসব দেখতে যাওয়ার সংকল্প
ঠাকুর এর আগে পাণিহাটির মহোৎসবে অনেকবার যোগ দিয়েছিলেন, সে কথা আমরা অন্যত্র উল্লেখ করেছি। কিন্তু তাঁর ইংরেজি-শিক্ষিত ভক্তদের আসার পর থেকে নানা কারণে তিনি কয়েক বছর তা করতে পারেননি। এই বছর নিজের ভক্তদের সঙ্গে সেই উৎসব দেখতে যাওয়ার অভিলাষ প্রকাশ করে তিনি আমাদের বললেন, “সেখানে সেদিন আনন্দের মেলা, হরিনামের হাট-বাজার বসে–তোরা সব ‘ইয়ং বেঙ্গল’ কখনও অমন দেখিসনি, চল দেখে আসবি।” রামচন্দ্র দত্ত প্রমুখ ভক্তদের মধ্যে একদল সে কথায় বিশেষ আনন্দিত হলেও কেউ কেউ তাঁর গলার বেদনার কথা ভেবে তাঁকে যাওয়া থেকে নিরস্ত করার চেষ্টা করল। তাদের সন্তুষ্ট করার জন্য তিনি বললেন, “এখান থেকে সকাল সকাল দুটি খেয়ে যাব এবং দু-এক ঘণ্টা সেখানে থেকে ফিরব, তাতে বিশেষ ক্ষতি হবে না; ভাবসমাধি বেশি হলে গলার ব্যথাটা বাড়তে পারে বটে, ও বিষয়ে একটু সামলে চললেই হবে।” তাঁর এই কথায় সব ওজর-আপত্তি ভেসে গেল, এবং ভক্তেরা তাঁর পাণিহাটি যাওয়ার বন্দোবস্ত করতে লাগল।
উৎসবের দিনে যাত্রার আগে
জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী–আজ পাণিহাটির মহোৎসব। প্রায় পঁচিশ জন ভক্ত দুখানি নৌকা ভাড়া করে সকাল নটার ভিতরে দক্ষিণেশ্বরে এসে জড়ো হল। কেউ কেউ হেঁটে এসে পৌঁছল। ঠাকুরের জন্য ভাড়া করা একখানি আলাদা নৌকা ঘাটে বাঁধা রয়েছে দেখা গেল। কয়েকজন স্ত্রীভক্ত খুব ভোরে এসেছিলেন—শ্রীশ্রীমাতাঠাকুরাণীর সঙ্গে মিলে তাঁরা ঠাকুরের ও ভক্তদের খাওয়াদাওয়ার বন্দোবস্ত করলেন। বেলা দশটার ভিতরে সকলে খেয়েদেয়ে যাওয়ার জন্য তৈরি হল।
শ্রীশ্রীমাতাঠাকুরাণীর না যাওয়ার কারণ
ঠাকুরের খাওয়ার পর শ্রীশ্রীমাতাঠাকুরাণী এক স্ত্রীভক্তকে দিয়ে তাঁকে জিজ্ঞাসা করে পাঠালেন, তিনি (মা) যাবেন কি না। ঠাকুর সেই স্ত্রীভক্তকে বললেন, “তোমরা তো যাচ্ছ, যদি ওর (মা’র) ইচ্ছা হয় তো চলুক।” শ্রীশ্রীমা সে কথা শুনে বললেন, “অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানেও অত্যন্ত ভিড় হবে, অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দর্শন করা আমার পক্ষে দুষ্কর হবে, আমি যাব না।” শ্রীশ্রীমা যাওয়ার সংকল্প ত্যাগ করলেন, এবং যে দুই-তিন জন স্ত্রীভক্ত যাবেন বলে ঠিক করেছিলেন, তাঁদের খাইয়ে ঠাকুরের নৌকায় যেতে আদেশ করলেন।
যাত্রার সময়ে ও উৎসবস্থলে পৌঁছে যা দেখা গেল
বেলা দ্বিতীয় প্রহর নাগাদ পাণিহাটিতে পৌঁছে দেখা গেল, গঙ্গাতীরে প্রাচীন বটগাছের চারপাশে অনেক লোকের সমাগম হয়েছে এবং বৈষ্ণব ভক্তেরা স্থানে স্থানে সংকীর্তনে আনন্দ করছেন। কিন্তু সংকীর্তন করলেও তাঁদের মধ্যে অনেকে ভগবৎনামগানে যথার্থ মগ্ন হয়েছেন বলে বোধ হল না। সর্বত্র একটা অভাব ও প্রাণহীনতা চোখে পড়তে লাগল। নৌকায় যাওয়ার সময়ে এবং সেখানে পৌঁছে নরেন্দ্রনাথ, বলরাম, গিরিশচন্দ্র, রামচন্দ্র, মহেন্দ্রনাথ প্রভৃতি প্রধান ভক্তেরা ঠাকুরকে বিশেষ করে অনুরোধ করেছিলেন, তিনি যেন কোনো কীর্তনসম্প্রদায়ের সঙ্গে মিশে মাতামাতি না করেন। কারণ, কীর্তনে মাতলে তাঁর ভাবাবেশ অনিবার্য, এবং তাতে গলার বেদনা বেড়ে যাবে।
মণি সেনের বাড়ি
নৌকা থেকে নেমে ঠাকুর ভক্তসঙ্গে সোজা শ্রীযুক্ত মণি সেনের বাড়িতে গিয়ে উঠলেন। তাঁর আগমনে আনন্দিত হয়ে মণি বাবুর বাড়ির সকলে তাঁকে প্রণাম করে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন। ঘরখানি টেবিল, চেয়ার, সোফা, কার্পেট প্রভৃতি দিয়ে ইংরেজি ধরনে সুসজ্জিত। এখানে দশ-পনেরো মিনিট বিশ্রাম করেই তিনি সকলকে সঙ্গে নিয়ে এঁদের ঠাকুরবাড়িতে রাধাকান্তজীকে দর্শন করবেন বলে উঠলেন।
মণি বাবুর ঠাকুরবাড়ি
বৈঠকখানাঘরের পাশেই ঠাকুরবাড়ি। পাশের দরজা দিয়ে আমরা একেবারে মন্দিরসংলগ্ন নাটমন্দিরের উপরে পৌঁছে যুগলবিগ্রহ মূর্তির দর্শন লাভ করলাম। মূর্তি দুটি সুন্দর। কিছুক্ষণ দর্শনের পর ঠাকুর অর্ধবাহ্য অবস্থায় প্রণাম করতে লাগলেন। নাটমন্দিরের মাঝখান থেকে পাঁচ-সাতটি ধাপ নামলে ঠাকুরবাড়ির চকমেলানো প্রশস্ত উঠান ও সদর ফটক। ফটকটি এমন জায়গায় রয়েছে যে, ঠাকুরবাড়িতে ঢোকামাত্র বিগ্রহমূর্তির দর্শন লাভ হয়। ঠাকুর যখন প্রণাম করছিলেন, তখন একটি কীর্তনদল সেই ফটক দিয়ে উঠানে ঢুকে গান আরম্ভ করল। বোঝা গেল, মেলাস্থলে যত কীর্তনসম্প্রদায় আসছে, তাদের প্রত্যেকে প্রথমে এখানে এসে কীর্তন করে পরে গঙ্গাতীরে আনন্দ করতে যাচ্ছে। শিখা-সূত্রধারী, তিলকচক্রাঙ্কিত দীর্ঘ স্থূলবপু, গৌরবর্ণ, প্রৌঢ়বয়স্ক এক পুরুষ ঝুলিতে মালা জপতে জপতে সেই সময়ে উঠানে এসে হাজির হলেন। তাঁর কাঁধে উত্তরীয়, পরনে ধোপদস্ত রেলির উনপঞ্চাশের থান ধুতি, সুন্দরভাবে গুছিয়ে পরা, এবং ট্যাঁকে একগোছা পয়সা—দেখলেই মনে হয়, কোনো এক গোস্বামিপুঙ্গব মেলার সুযোগে দু-পয়সা আদায়ের জন্য সেজেগুজে বেরিয়েছেন। কীর্তনসম্প্রদায়কে মাতিয়ে তুলতে এবং বোধ হয় উপস্থিত সকলকে নিজের মহত্ত্বে মুগ্ধ করতে তিনি এসেই কীর্তনদলের সঙ্গে মিশে ভাবাবিষ্টের মতো অঙ্গভঙ্গি, হুংকার ও নৃত্য করতে লাগলেন।
ঠাকুরের ভাবাবেশ ও নৃত্য
প্রণামের পর ঠাকুর নাটমন্দিরের এক পাশে দাঁড়িয়ে কীর্তন শুনছিলেন। গোস্বামীজীর বেশভূষার পারিপাট্য ও ভাবাবেশের ভান দেখে ঈষৎ হেসে তিনি পাশের নরেন্দ্রপ্রমুখ ভক্তদের মৃদুস্বরে বললেন, “ঢং দ্যাখ!” তাঁর এই পরিহাসে সকলের মুখে হাসির রেখা দেখা দিল, এবং তিনি কিছুমাত্র ভাবাবিষ্ট না হয়ে নিজেকে বেশ সামলে চলছেন ভেবে তারা নিশ্চিন্ত হল। কিন্তু পরক্ষণেই দেখা গেল, কেমন করে তা তারা বোঝার আগেই ঠাকুর চোখের নিমেষে তাদের মধ্য থেকে বেরিয়ে এক লাফে কীর্তনদলের মাঝখানে সহসা অবতীর্ণ হয়েছেন, এবং ভাবাবেশে তাঁর বাহ্যসংজ্ঞা লোপ পেয়েছে। ভক্তেরা তখন শশব্যস্তে নাটমন্দির থেকে নেমে তাঁকে ঘিরে দাঁড়াল, এবং তিনি কখনও অর্ধ-বাহ্যদশা লাভ করে সিংহ-বিক্রমে নৃত্য করতে এবং কখনও সংজ্ঞা হারিয়ে স্থির হয়ে থাকতে লাগলেন। ভাবাবেশে নৃত্য করতে করতে যখন তিনি দ্রুত পায়ে তালে তালে কখনও এগিয়ে এবং কখনও পিছু হটে আসতে লাগলেন, তখন মনে হতে লাগল, তিনি যেন ‘সুখময় সায়রে’ মীনের মতো মহানন্দে সন্তরণ ও ছুটোছুটি করছেন। প্রতিটি অঙ্গের গতি ও চালনায় সেই ভাব পরিস্ফুট হয়ে তাঁর মধ্যে যে অদৃষ্টপূর্ব কোমলতা ও মাধুর্য-মিশ্রিত উদ্দাম উল্লাসময় শক্তির প্রকাশ ঘটাল, তা বর্ণনা করা অসম্ভব। স্ত্রীপুরুষের হাবভাবময় মনোমুগ্ধকারী নৃত্য অনেক দেখেছি, কিন্তু দিব্য ভাবাবেশে আত্মহারা হয়ে তাণ্ডবনৃত্য করার সময় ঠাকুরের দেহে যে রুদ্র-মধুর সৌন্দর্য ফুটে উঠত, তার আংশিক ছায়াপাতও সেসবের মধ্যে আমাদের নয়নগোচর হয়নি। প্রবল ভাবোল্লাসে উদ্বেলিত হয়ে তাঁর দেহ যখন হেলতে দুলতে ছুটতে থাকত, তখন ভ্রম হত, সেই দেহ বুঝি কঠিন জড় উপাদানে নির্মিত নয়, বুঝি আনন্দসাগরে উত্তাল তরঙ্গ উঠে প্রচণ্ড বেগে সামনের সব পদার্থকে ভাসিয়ে এগিয়ে চলেছে—এখনই আবার গলে তরল হয়ে তার ওই আকার লোকদৃষ্টির অগোচর হবে। আসল ও নকল পদার্থের মধ্যে কত প্রভেদ, তা কাউকে বোঝাতে হল না—কীর্তন সম্প্রদায় গোস্বামীজীর দিকে আর দৃষ্টিপাত না করে ঠাকুরকে ঘিরে শতগুণ উৎসাহ-আনন্দে গান গাইতে লাগল।
রাঘব পণ্ডিতের বাড়িতে যাওয়ার পথে
প্রায় আধঘণ্টা এভাবে কাটার পর ঠাকুরকে কিছুটা প্রকৃতিস্থ দেখে ভক্তেরা তাঁকে কীর্তনসম্প্রদায়ের মধ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। ঠিক হল, এখান থেকে অল্প দূরে অবস্থিত মহাপ্রভুর পার্ষদ রাঘব পণ্ডিতের বাড়িতে গিয়ে, তিনি যে যুগলবিগ্রহ ও শালগ্রামশিলার নিত্য সেবা করতেন, তা দর্শন করে নৌকায় ফেরা হবে। ঠাকুর সে কথায় সম্মত হয়ে ভক্তবৃন্দের সঙ্গে মণি সেনের ঠাকুরবাড়ি থেকে বেরোলেন। কীর্তনসম্প্রদায় কিন্তু তাঁর সঙ্গ ছাড়ল না, মহোৎসাহে নামগান করতে করতে পিছন পিছন আসতে লাগল। ঠাকুর এতে দু-চার পা এগিয়েই ভাবাবেশে স্থির হয়ে রইলেন। অর্ধবাহ্যদশা ফিরে এলে ভক্তেরা তাঁকে এগোতে অনুরোধ করল, তিনিও দু-চার পা চলে আবার ভাবাবিষ্ট হলেন। বারবার এমন হতে থাকায় ভক্তেরা অতি ধীরে এগোতে বাধ্য হল।
ভাবাবিষ্ট ঠাকুরের অপূর্ব শ্রী
ভাবাবিষ্ট ঠাকুরের শরীরে সেদিন যে দিব্যোজ্জ্বল সৌন্দর্য দর্শন করেছি, তেমন আর কখনও নয়নগোচর হয়েছে বলে স্মরণ হয় না। দেব-দেহের সেই অপূর্ব শ্রী যথাযথ বর্ণনা করা মনুষ্যশক্তির পক্ষে অসম্ভব। ভাবাবেশে দেহের অতটা পরিবর্তন নিমেষে ঘটতে পারে, এ কথা আমরা আগে কখনও কল্পনা করিনি। তাঁর উন্নত বপু প্রতিদিন যেমন দেখেছি, তার চেয়ে অনেক দীর্ঘ এবং স্বপ্নদৃষ্ট শরীরের মতো লঘু বলে বোধ হচ্ছিল, শ্যামবর্ণ উজ্জ্বল হয়ে গৌরবর্ণে পরিণত হয়েছিল; ভাবপ্রদীপ্ত মুখমণ্ডল অপূর্ব জ্যোতি বিকীর্ণ করে চারপাশ আলোকিত করেছিল, এবং মহিমা, করুণা, শান্তি ও আনন্দপূর্ণ মুখের সেই অনুপম হাসি দৃষ্টিপথে পড়ামাত্র জনসাধারণকে মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণের জন্য সব কথা ভুলিয়ে তাঁর পদানুসরণ করিয়েছিল! পরনের উজ্জ্বল গৈরিক বর্ণের গরদখানি সেই অপূর্ব অঙ্গকান্তির সঙ্গে পূর্ণ সামঞ্জস্যে মিশে গিয়ে এমন ভ্রম জন্মাচ্ছিল, যেন তিনি অগ্নিশিখাপরিব্যাপ্ত।
ঠাকুরের দিব্যদর্শনে কীর্তন-সম্প্রদায়ের উৎসাহ ও উল্লাস
ঠাকুর মণি বাবুর ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে রাজপথে আসামাত্র কীর্তনসম্প্রদায় তাঁর দিব্যোজ্জ্বল শ্রী, মনোহর নৃত্য ও বারবার গভীর ভাবাবেশ দেখে নবীন উৎসাহে পূর্ণ হয়ে গান ধরল—
সুরধুনীর তীরে হরি বলে কে রে,
বুঝি প্রেমদাতা নিতাই এসেছে।
ওরে হরি বলে কে রে,
জয় রাধে বলে কে রে,
বুঝি প্রেমদাতা নিতাই এসেছে—
(আমাদের) প্রেমদাতা নিতাই এসেছে।
নিতাই নইলে প্রাণ জুড়াবে কিসে–
(এই আমাদের) প্রেমদাতা নিতাই এসেছে।
জনসাধারণের আকৃষ্ট হওয়া
শেষ ছত্রটি গাওয়ার সময় তারা ঠাকুরের দিকে আঙুল দেখিয়ে বারবার ‘এই আমাদের প্রেমদাতা’ বলে মহানন্দে নৃত্য করতে লাগল। তাদের সেই উৎসাহ উৎসবস্থলে সমাগত জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে সকলকে সেখানে টেনে আনতে লাগল, এবং যারা এসে একবার ঠাকুরকে দর্শন করল, তারা মোহিত হয়ে মহোল্লাসে কীর্তনে যোগ দিল, অথবা প্রাণে অনির্বচনীয় দিব্য ভাবোদয়ে স্তব্ধ হয়ে নীরবে ঠাকুরকে অনিমেষে দেখতে দেখতে সঙ্গে যেতে লাগল। জনসাধারণের উৎসাহ ক্রমে সংক্রামক ব্যাধির মতো চারদিকে ছড়িয়ে পড়ল, এবং আরও কয়েকটি কীর্তনসম্প্রদায় এসে আগের দলটির সঙ্গে যোগ দিল। এভাবে এক বিরাট জনসংঘ ভাবাবিষ্ট ঠাকুরকে ঘিরে রাঘব পণ্ডিতের কুটিরের দিকে ধীর পায়ে এগোতে লাগল।
মালসা ভোগ
গঙ্গাতীরের বটগাছের নিচে শ্রীগৌরাঙ্গ ও নিত্যানন্দ প্রভুদ্বয়ের উদ্দেশে কয়েক মালসা ফলাহার উৎসর্গ করিয়ে স্ত্রীভক্তেরা সেগুলি ঠাকুরের জন্য নিয়ে আসছিলেন। রাঘব পণ্ডিতের বাড়িতে পৌঁছোনোর কিছু আগে একজন ভেকধারী কুৎসিত কদাকার বাবাজী সহসা কোথা থেকে এসে এক মালসা প্রসাদ এক স্ত্রীভক্তের হাত থেকে কেড়ে নিল, এবং যেন ভাবে প্রেমে গদগদ হয়ে তার খানিকটা ঠাকুরের মুখে স্বহস্তে তুলে দিল। ঠাকুর তখন ভাবাবেশে স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন, বাবাজী স্পর্শ করামাত্র তাঁর সর্বাঙ্গ সহসা শিউরে উঠল ও ভাবভঙ্গ হল, এবং মুখে দেওয়া খাবার থু থু করে ফেলে দিয়ে তিনি মুখ ধুলেন। এই ঘটনায় বাবাজীকে ভণ্ড বলে বুঝতে কারও দেরি হল না, এবং সকলে তার উপর বিরক্তি ও বিদ্রূপের সঙ্গে কটাক্ষ করছে দেখে সে দূরে পালিয়ে গেল। ঠাকুর তখন অন্য এক ভক্তের কাছ থেকে প্রসাদকণিকা গ্রহণ করে অবশিষ্টাংশ ভক্তদের খেতে দিলেন।
নৌকায় প্রত্যাবর্তন ও নবচৈতন্যকে কৃপা
এমনি করে সেই পথ পার হয়ে রাঘব পণ্ডিতের বাড়িতে পৌঁছোতে প্রায় তিন ঘণ্টা লাগল। সেখানে এসে মন্দিরের ভিতরে ঢুকে দর্শন, স্পর্শন, বিশ্রাম প্রভৃতি করতে ঠাকুরের আধঘণ্টা কেটে গেল, এবং সঙ্গের সেই বিরাট জনসংঘ ধীরে ধীরে ইতস্তত ছড়িয়ে পড়ল। ভিড় কমেছে দেখে ভক্তেরা তাঁকে নৌকায় নিয়ে এল। কিন্তু এখানেও এক অদ্ভুত ব্যাপার ঘটল। কোন্নগরনিবাসী নবচৈতন্য মিত্র উৎসবস্থলে ঠাকুর এসেছেন শুনে দর্শনের জন্য ব্যাকুল হয়ে চারদিকে খুঁজে বেড়াচ্ছিল। এবার নৌকার মধ্যে তাঁকে দেখতে পেয়ে এবং নৌকা ছাড়ার উপক্রম করছে দেখে সে উন্মত্তের মতো ছুটে এসে তাঁর পদপ্রান্তে আছাড় খেয়ে পড়ল, এবং ‘কৃপা করুন’ বলে প্রাণের আবেগে কাঁদতে লাগল। ঠাকুর তার ব্যাকুলতা ও ভক্তি দেখে ভাবাবেশে তাকে স্পর্শ করলেন। সেই স্পর্শে কী অপূর্ব দর্শন হল, বলতে পারি না, কিন্তু তার ব্যাকুল কান্না নিমেষের মধ্যে অসীম উল্লাসে পরিণত হল, এবং বাহ্যজ্ঞানশূন্যের মতো সে নৌকার উপরে তাণ্ডব নৃত্য করতে লাগল ও ঠাকুরকে নানাভাবে স্তবস্তুতি করে বারবার সাষ্টাঙ্গ প্রণাম করতে লাগল! এই অবস্থায় কিছুক্ষণ কাটার পর ঠাকুর তার পিঠে হাত বুলিয়ে নানারকম উপদেশ দিয়ে তাকে শান্ত করলেন। নবচৈতন্য এর আগে অনেকবার ঠাকুরকে দর্শন করলেও এতদিন তাঁর কৃপা লাভ করতে পারেনি; সেদিন তা পেয়ে সে কৃতার্থ হল, এবং সংসারের ভার পুত্রের উপর অর্পণ করে নিজের গ্রামে গঙ্গাতীরে পর্ণকুটিরে জীবনের অবশিষ্ট কাল বানপ্রস্থের মতো সাধন-ভজন ও ঠাকুরের নামগুণগানে কাটিয়েছিল। সেই থেকে সংকীর্তনের সময় বৃদ্ধ নবচৈতন্যের ভাবাবেশ হত, এবং তার ভক্তি ও আনন্দময় মূর্তি দেখে অনেকে তাকে শ্রদ্ধা ও সম্মান করত। এভাবে নবচৈতন্য ঠাকুরের কৃপায় পরবর্তী জীবনে বহু মানুষের হৃদয়ে ভগবদ্ভক্তি উদ্দীপিত করতে পেরেছিল।
দক্ষিণেশ্বরে পৌঁছোনো—বিদায়কালে একজন ভক্তের সঙ্গে ঠাকুরের কথা
নবচৈতন্য বিদায় নিলে ঠাকুর নৌকা ছাড়তে আদেশ করলেন। কিছুদূর আসতে না আসতে সন্ধ্যা হল, এবং রাত সাড়ে আটটা নাগাদ আমরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌঁছলাম। তারপর ঠাকুর ঘরের ভিতরে বসলে ভক্তেরা তাঁকে প্রণাম করে কলিকাতায় ফেরার জন্য বিদায় নিল। সকলে নৌকায় উঠছে, এমন সময়ে একজনের মনে পড়ল, জুতো ভুলে এসেছে, এবং তা আনার জন্য সে আবার ঠাকুরের ঘরের দিকে ছুটল। তাকে দেখে ঠাকুর ফেরার কারণ জিজ্ঞাসা করে পরিহাসের সুরে বললেন, “ভাগ্যে ওই নৌকা ছাড়ার আগে মনে পড়ল, নইলে আজকের সমস্ত আনন্দটা ওই ঘটনায় পণ্ড হয়ে যেত।” যুবকটি সে কথায় হেসে তাঁকে প্রণাম করে চলে আসার উপক্রম করলে তিনি জিজ্ঞাসা করলেন, “আজ কেমন দেখলি বল দেখি? যেন হরিনামের হাটবাজার বসে গেছে—না?” সে তাতে সায় দিলে তিনি নিজের ভক্তদের মধ্যে উৎসবস্থলে কার কার ভাবাবেশ হয়েছিল, তা উল্লেখ করলেন, এবং ছোট নরেন্দ্রের প্রশংসা করে বললেন, “কেলে ছোঁড়াটা অল্পদিন হল এখানে আসা-যাওয়া করছে, এর মধ্যেই তার ভাব হতে আরম্ভ হয়েছে। সেদিন তার ভাব আর ভাঙে না–এক ঘণ্টার উপর বাহ্যসংজ্ঞা ছিল না! সে বলে, তার মন আজকাল নিরাকারে লীন হয়ে যায়। ছোট নরেন বেশ ছেলে–না? তুই একদিন তার বাড়িতে গিয়ে আলাপ করে আসবি–কেমন?” যুবকটি তাঁর সব কথায় সায় দিয়ে বলল, “কিন্তু মশায়! বড় নরেনকে আমার যেমন ভালো লাগে, এমন আর কাউকে না, সেজন্য ছোট নরেনের বাড়িতে যেতে ইচ্ছা হচ্ছে না।” ঠাকুর এতে তাকে তিরস্কার করে বললেন, “তুই ছোঁড়া তো ভারি একঘেয়ে, একঘেয়ে হওয়াটা হীন বুদ্ধির কাজ, ভগবানের পাঁচ ফুলে সাজি—নানারকমের ভক্ত, তাদের সকলের সঙ্গে মিশে আনন্দ করতে না পারাটা বিষম হীন বুদ্ধির কাজ; তুই ছোট নরেনের কাছে একদিন নিশ্চয় যাবি—কেমন, যাবি তো?” সে অগত্যা সম্মত হয়ে তাঁকে প্রণাম করে বিদায় নিল। পরে জানা গিয়েছিল, সেই লোকটি কয়েক দিন পরে ঠাকুরের কথামতো ছোট নরেনের সঙ্গে আলাপ করতে গিয়ে তার কথায় জীবনের গুরুতর জটিল এক সমস্যার সমাধান পেয়ে ধন্য হয়েছিল। নৌকা সেদিন কলিকাতায় পৌঁছোতে রাত প্রায় দশটা বেজেছিল।
রাতে খাওয়ার সময় শ্রীশ্রীমার সম্বন্ধে এক স্ত্রীভক্তের সঙ্গে কথা
স্ত্রী-ভক্তেরা সেই রাত শ্রীশ্রীমার কাছে রইলেন, এবং স্নানযাত্রার দিনে ৺দেবীপ্রতিষ্ঠার বাৎসরিক উপলক্ষে কালীবাড়িতে বিশেষ সমারোহ হবে জানতে পেরে সেই পর্ব দর্শন করে কলিকাতায় ফিরবেন বলে ঠিক করলেন। রাতে খেতে বসে ঠাকুর পাণিহাটির উৎসবের কথা প্রসঙ্গে তাঁদের একজনকে বললেন, “অত ভিড়– তার উপর ভাবসমাধির জন্য আমাকে সকলে লক্ষ করছিল—ও (শ্রীশ্রীমা) সঙ্গে না গিয়ে ভালোই করেছে, ওকে সঙ্গে দেখলে লোকে বলত ‘হংস-হংসী এসেছে’। ও খুব বুদ্ধিমতী।” শ্রীশ্রীমার অসামান্য বুদ্ধির দৃষ্টান্তস্বরূপ আবার বলতে লাগলেন, “মাড়োয়ারি ভক্ত[2] যখন দশ হাজার টাকা দিতে চাইল, তখন আমার মাথায় যেন করাত বসিয়ে দিল; মাকে বললাম, ‘মা, এতদিন পরে আবার প্রলোভন দেখাতে এলি!’ সেই সময়ে ওর মন বোঝার জন্য ডেকে পাঠিয়ে বললাম, ‘ওগো, এই টাকা দিতে চাইছে, আমি নিতে পারব না বলায় তোমার নামে দিতে চাইছে, তুমি ওটা নাও না কেন– কী বল’? শুনেই ও বলল, ‘তা কেমন করে হবে? টাকা নেওয়া হবে না, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে। কারণ, আমি ওটা রাখলে তোমার সেবা ও অন্যান্য দরকারে তা খরচ না করে থাকতে পারব না; সুতরাং ফলে তা তোমারই গ্রহণ করা হবে। তোমাকে লোকে শ্রদ্ধা-ভক্তি করে তোমার ত্যাগের জন্য—অতএব টাকা কিছুতেই নেওয়া হবে না’। ওর (শ্রীশ্রীমার) ওই কথা শুনে আমি হাঁপ ফেলে বাঁচি!”
শ্রীশ্রীমার সঙ্গে সেই ভক্তের কথা
ঠাকুরের খাওয়া শেষ হলে স্ত্রীভক্তেরা নহবতে মাতাঠাকুরাণীর কাছে গিয়ে তাঁর সম্বন্ধে ঠাকুর যা বলছিলেন, তা শোনালে শ্রীশ্রীমা বললেন, “সকালে উনি (ঠাকুর) আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন, তাতেই বুঝতে পারলাম–উনি মন খুলে ও বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তা হলে বলতেন—হাঁ, যাবে বৈ কি। তা না করে উনি ও বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপরে ফেলে বললেন, ‘ওর ইচ্ছা হয় ত চলুক,’ তখন ঠিক করলাম, যাওয়ার সংকল্প ত্যাগ করাই ভালো।”
স্নানযাত্রার দিনে নানা লোকের সংসর্গে ঠাকুরের ভাবভঙ্গ ও বিরক্তি
গাত্রদাহ দেখা দেওয়ায় সে রাতে ঠাকুরের ঘুম হল না। উৎসবস্থলে নানারকম চরিত্রের লোক তাঁর দেব-অঙ্গ স্পর্শ করেছিল বলেই বোধ হয় এমন হয়েছিল। কারণ দেখা যেত, অপবিত্র অশুদ্ধমনা লোকেরা ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে অথবা অন্য কোনো সকাম ভাব নিয়ে তাঁর অঙ্গ স্পর্শ করে পদধূলি নিলে তিনি অনেক সময়ে এমন দাহে প্রপীড়িত হতেন। পাণিহাটি উৎসবের একদিন পরে স্নানযাত্রার পর্ব এল। সেদিন আমরা দক্ষিণেশ্বরে উপস্থিত থাকতে পারিনি। স্ত্রীভক্তদের কাছে শুনেছি, সেদিন অনেক স্ত্রী-পুরুষ ঠাকুরকে দর্শন করতে এসেছিল। তাদের মধ্যে অ-র মা নামে একজন নিজের বিষয়সম্পত্তির বন্দোবস্ত করিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁকে পীড়াপীড়ি করে ধরে তাঁর আনন্দে বিশেষ বিঘ্ন ঘটিয়েছিল। দুপুরে খাওয়ার সময় তাকে কাছে বসে থাকতে দেখে তিনি বিরক্ত হয়ে কথা বললেন না, এবং অন্য দিনের মতো খেতেও পারলেন না। পরে খাওয়া শেষ হলে আমাদের পরিচিতা একজন আচমনের জল দিতে গেলে ঠাকুর তাঁকে একান্তে বললেন, “এখানে লোক আসে ভক্তি প্রেম হবে বলে—এখান থেকে ওর বিষয়ের কী বন্দোবস্ত হবে বল দেখি? মাগী কামনা করে আঁব সন্দেশ এইসব এনেছে—তার একটুও মুখে তুলতে পারলাম না। আজ স্নানযাত্রার দিন, অন্য বছর এই দিনে কত ভাবসমাধি হত, দু-তিন দিন ভাবের ঘোর থাকত, আজ কিছুই হল না—নানাভাবের লোকের হাওয়া লেগে উচ্চ ভাব আসতে পারল না?” অ—র মা সেদিন দক্ষিণেশ্বরে থেকে যাওয়ায় রাতেও ঠাকুরের বিরক্তির ভাব প্রশমিত হল না। রাতে খাওয়ার সময় একজন স্ত্রীভক্তকে বললেন, “এখানে স্ত্রীলোকদের এত ভিড় ভালো নয়, মথুর বাবুর ছেলে ত্রৈলোক্য বাবু এখানে রয়েছে—কী মনে করবে বল দেখি? দু-একজন মধ্যে মধ্যে এলে, এক-আধ দিন থেকে চলে গেল—তা নয়, একেবারে ভিড় লেগে গেছে! স্ত্রীলোকদের অত হাওয়া আমি সইতে পারি না।” ঠাকুরের বিরক্তির কারণ হয়েছেন ভেবে স্ত্রীভক্তেরা সেদিন বিশেষ বিষণ্ণ হয়েছিলেন, এবং ভোর হতেই কলিকাতায় ফিরে এসেছিলেন। স্নানযাত্রা উপলক্ষে কালীবাড়িতে বিশেষ সমারোহে পূজা এবং যাত্রা প্রভৃতি হয়েছিল, তাঁরা কিন্তু আগে বলা কারণে সেদিন কিছুমাত্র আনন্দ পেতে পারেননি। ঠাকুর নিরন্তর উচ্চ ভাবভূমিতে থাকলেও দৈনন্দিন প্রত্যেক ব্যাপারে তাঁর কতটা লক্ষ ছিল, এবং ভক্তদের কল্যাণের জন্য তিনি তাদের কীভাবে শাসন ও পরিচালনা করতেন, তা এই বিবরণ থেকে পাঠক কতকটা বুঝতে পারবেন।
[1] অর্থাৎ লোক-দেখানো
[2] এঁর নাম লছমীনারায়ণ ছিল।
পাণিহাটিতে গিয়ে গলায় বেদনা বৃদ্ধি ও বালক-স্বভাব ঠাকুরের আচরণ
পানিহাটি মহোৎসবে যোগ দেওয়ার পর ঠাকুরের গলার বেদনা বেড়ে গেল। সেদিন মধ্যে মধ্যে বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে ভিজে, জলে-ভেজা পায়ে বহুক্ষণ ভাবাবেশে কাটানোর ফলেই রোগ বেড়েছে বলে ডাক্তার ভক্তদের বারবার অনুযোগ করলেন, এবং আবার তেমন অত্যাচার হলে রোগ কঠিন হয়ে দাঁড়াবে বলে ভয় দেখাতেও ছাড়লেন না। এতে ভক্তেরা এরপর থেকে সতর্ক থাকতে দৃঢ় সংকল্প করলেন, এবং বালকস্বভাব ঠাকুর সেদিনের অত্যাচারের সমস্ত দোষ রামচন্দ্র প্রমুখ কয়েকজন প্রবীণ ভক্তের উপর চাপিয়ে বললেন, “ওরা যদি একটু জোর করে আমাকে নিষেধ করত, তা হলে কি আমি পাণিহাটিতে যেতে পারতাম।” চিকিৎসা-ব্যবসায়ী না হলেও রাম বাবু ক্যাম্বেল মেডিক্যাল স্কুলে পড়ে ডাক্তারি পাশ করেছিলেন। বৈষ্ণব মতের প্রতি অনুরাগের বশে পাণিহাটির উৎসবে যাওয়ার জন্য তিনিই ঠাকুরকে বিশেষ উৎসাহিত করেছিলেন, সুতরাং এবার এ ব্যাপারে তিনিই সমধিক দোষভাগী বলে গণ্য হলেন। আমাদের একজন বন্ধু এই সময়ে একদিন দক্ষিণেশ্বরে গিয়ে দেখলেন, ঠাকুর গলায় প্রলেপ লাগিয়ে ঘরের ভিতরে ছোট তক্তাখানির উপর চুপ করে বসে আছেন। তিনি বলেন, “বালককে শাসন করার জন্য কোনো কাজ করতে নিষেধ করে এক জায়গায় আবদ্ধ রাখলে সে যেমন বিষণ্ণ হয়, ঠাকুরের মুখে অবিকল সেই ভাব দেখতে পেলাম। প্রণাম করে জিজ্ঞাসা করলাম, কী হয়েছে? তিনি তখন গলার প্রলেপ দেখিয়ে মৃদুস্বরে বললেন, ‘এই দ্যাখ না, ব্যথা বেড়েছে, ডাক্তার বেশী কথা কইতে নিষেধ করেছে’। বললাম, ‘তাই তো মশায়, শুনলাম সেদিন আপনি পেণেটি গিয়েছিলেন, বোধ হয় সেজন্যই ব্যথাটা বেড়েছে’। তিনি তা শুনে বালকের মতো অভিমানভরে বলতে লাগলেন, ‘হাঁ, দ্যাখ দেখি, এই উপরে জল নীচে জল, আকাশে বৃষ্টি পথে কাদা, আর রাম কিনা আমাকে সেখানে নিয়ে গিয়ে সমস্ত দিন নাচিয়ে নিয়ে এলো! সে পাশকরা ডাক্তার, যদি ভাল করে বারণ করতো তা হলে কি আমি সেখানে যাই’। আমি বললাম, ‘তাই তো মশায়, রামের ভারি অন্যায়। যা হওয়ার হয়ে গেছে, এখন কয়েকটা দিন একটু সাবধানে থাকুন, তা হলেই সেরে যাবে’। শুনে তিনি খুশি হলেন এবং বললেন, ‘তা বলে একেবারে কথা বন্ধ করে কি থাকা যায়? এই দ্যাখ দেখি—তুই কতদূর থেকে এলি, আর আমি তোর সঙ্গে একটিও কথা কইব না, তা কি হয়?’ বললাম, ‘আপনাকে দেখলেই আনন্দ হয়, কথা না-ই বা বললেন, আমাদের কোনো কষ্ট হবে না—ভালো হোন, আবার কত কথা শুনব’। কিন্তু সে কথা শোনে কে? ডাক্তারের নিষেধ, নিজের কষ্ট প্রভৃতি সব কিছু ভুলে তিনি আগের মতো আমার সঙ্গে আলাপ শুরু করলেন।”
গলায় ক্ষত হওয়া ও ডাক্তারের নিষেধ না মেনে ঠাকুরের সমীপাগত জনসাধারণকে আগের মতো উপদেশ দান
ক্রমে আষাঢ় কেটে গেল। এক মাসের বেশি চিকিৎসাধীন থাকলেও ঠাকুরের গলার বেদনার উপশম হল না। অন্য সময়ে বেদনা অল্প অনুভূত হলেও একাদশী, পূর্ণিমা ও অমাবস্যা প্রভৃতি তিথিতে তা বিশেষ বেড়ে যেত। তখন কোনোরকম কঠিন খাবার ও তরিতরকারি গেলা প্রায় অসাধ্য হয়ে উঠত। সুতরাং দুধ-ভাত ও সুজির পায়স মাত্র খেয়ে ঠাকুর সেই দিনগুলি কাটাতেন। ডাক্তারেরা পরীক্ষা করে স্থির করলেন, তাঁর Clergyman’s sore-throat হয়েছে, অর্থাৎ লোককে দিনরাত ধর্মোপদেশ দিতে গিয়ে বাগযন্ত্রের অত্যধিক ব্যবহারে গলায় ক্ষত হওয়ার উপক্রম হয়েছে; ধর্মপ্রচারকদের এমন ব্যাধি হওয়ার কথা চিকিৎসাশাস্ত্রে লিপিবদ্ধ আছে। রোগনির্ণয় করে ডাক্তারেরা ওষুধপথ্যের যে ব্যবস্থা করলেন, ঠাকুর তা ঠিকমতো মেনে চললেও দুটি বিষয়ে তার ব্যতিক্রম হতে লাগল। প্রগাঢ় ঈশ্বরপ্রেম এবং সংসারতপ্ত মানুষের প্রতি অপার করুণায় অবশ হয়ে তিনি সমাধি ও বাক্যসংযমের দিকে যথাযথ লক্ষ রাখতে পারলেন না। কোনো ঈশ্বরীয় প্রসঙ্গ উঠলেই তিনি দেহবুদ্ধি হারিয়ে আগের মতো সমাধিস্থ হতে লাগলেন, এবং অজ্ঞানান্ধকারে নিপতিত, শোকে তাপে মুহ্যমান মানুষ পথের সন্ধান ও শান্তির প্রয়াসী হয়ে তাঁর কাছে আসামাত্র করুণায় আত্মহারা হয়ে তিনি আগের মতো উপদেশাদি প্রদান করে তাদের কৃতার্থ করতে লাগলেন।
বহু ব্যক্তিকে ধর্মোপদেশ দানের অত্যধিক শ্রম ও মহাভাবে অনিদ্রা প্রভৃতি—ব্যাধির কারণ
এই সময়ে ঠাকুরের কাছে ধর্মপিপাসু মানুষ বড় কম আসছিল না। পুরোনো ভক্তদের ছাড়াও পাঁচ-সাত বা ততোধিক নতুন লোককে তখন রোজ ধর্মলাভের আশায় দক্ষিণেশ্বরে তাঁর দ্বারে উপস্থিত হতে দেখা যেত। ১৮৭৫ খ্রিস্টাব্দে শ্রীযুত কেশব দক্ষিণেশ্বরে আসার কিছুকাল পর থেকে প্রতিদিন এমন হয়ে আসছিল। সুতরাং লোকশিক্ষা প্রদানের জন্য গত এগারো বছর ধরে প্রায়ই ঠাকুরের নিয়মিত সময়ে স্নান, আহার এবং বিশ্রামে সত্যি সত্যিই ব্যাঘাত ঘটে আসছিল। তা ছাড়া মহাভাবের প্রেরণায় তাঁর ঘুম অল্পই হত। দক্ষিণেশ্বরে তাঁর কাছে থাকার সময় আমরা কত দিন দেখেছি, রাত প্রায় ১১টার সময় শোয়ার অল্পক্ষণ পরেই তিনি উঠে ভাবাবেশে পায়চারি করছেন–কখনও পশ্চিমের, কখনও উত্তরের দরজা খুলে বাইরে যাচ্ছেন, আবার কখনও বা বিছানায় স্থির হয়ে শুয়ে থাকলেও সম্পূর্ণ জেগে রয়েছেন। এভাবে রাতের ভিতর তিন-চার বার বিছানা ছাড়লেও রাত ৪টা বাজামাত্র তিনি রোজ উঠে শ্রীভগবানের স্মরণ, মনন, নাম-গুণ-গান করতে করতে ঊষার আলোর অপেক্ষা করতেন, এবং পরে আমাদের ডেকে তুলতেন। অতএব দিনে বহু লোককে উপদেশ দেওয়ার অত্যধিক পরিশ্রমে এবং রাতের অনিদ্রায় তাঁর শরীর যে এই সময় অবসন্ন হবে, তাতে বিচিত্র কী!
ভাবাবেশকালে জগন্মাতার সঙ্গে কলহে ঠাকুরের শারীরিক অবসন্নতার কথা প্রকাশ
অত্যধিক পরিশ্রমে তাঁর শরীর যে ক্রমে অবসন্ন হচ্ছিল, ঠাকুর তা আমাদের কাউকে না বললেও তার পরিচয় আমরা কখনও কখনও শ্রীশ্রীজগন্মাতার সঙ্গে তাঁর প্রেমের কলহে শুনতে পেতাম, কিন্তু ভালো করে বুঝতে পারতাম না। ঠাকুর অসুস্থ হওয়ার কিছুকাল আগে একদিন দক্ষিণেশ্বরে গিয়ে আমাদের একজন দেখেছিল, তিনি ভাবাবিষ্ট হয়ে ছোট তক্তাখানির উপর বসে কাউকে সম্বোধন করে আপন মনে বলছেন, “যত সব এঁদো লোককে এখানে আনবি, এক সের দুধে একেবারে পাঁচ সের জল, ফু দিয়ে জ্বাল ঠেলতে ঠেলতে আমার চোখ গেল, হাড় মাটি হল, অত করতে আমি পারব না, তোর সখ থাকে তুই করগে যা! ভাল লোক সব নিয়ে আয়, যাদের দুই-এক কথা বলে দিলেই (চৈতন্য) হবে।” অন্য একদিন তিনি উপস্থিত ভক্তদের বলেছিলেন, “মাকে আজ বলছিলাম—বিজয়, গিরিশ, কেদার, রাম, মাষ্টার এই কয়জনকে একটু একটু শক্তি দে, যাতে নতুন কেউ এলে এদের হাতে কতকটা তৈরি হয়ে আমার কাছে আসে।” লোকশিক্ষায় এভাবে সাহায্য করার বিষয়ে ভক্তিমতী একজন স্ত্রীভক্তকে এক সময়ে বলেছিলেন, “তুই জল ঢাল, আমি কাদা করি।” ধর্মপিপাসুদের ভিড় দক্ষিণেশ্বরে প্রতিদিন বাড়ছে দেখে, তাঁর গলায় প্রথম বেদনা অনুভব করার কয়েক দিন পরে একদিন ভাবাবিষ্ট হয়ে তিনি শ্রীশ্রীজগন্মাতাকে বলেছিলেন, “এত লোক কি আনতে হয়? একেবারে ভিড় লাগিয়ে দিয়েছিস! লোকের ভিড়ে নাইবার খাবার সময় পাই না! একটা ত এই ফুটো ঢাক (নিজের শরীর দেখিয়ে), রাতদিন এটাকে বাজালে আর কয়দিন টিকবে?”
দক্ষিণেশ্বরে কত ধর্মপিপাসু এসেছিল তা নির্ণয় করা দুঃসাধ্য
বাস্তবিক, ১৮৮৪ খ্রিস্টাব্দের শেষভাগে কলিকাতার জনসাধারণের মধ্যে ঠাকুরের লোকোত্তর ভাব, প্রেম, সমাধি ও অমৃতময়ী বাণীর কথা মুখে মুখে এতটা ছড়িয়ে পড়েছিল যে, তাঁর পুণ্যদর্শন লাভের আশায় রোজই দলে দলে লোক দক্ষিণেশ্বরে উপস্থিত হচ্ছিল, এবং যারা একবার আসছিল তাদের অধিকাংশই মোহিত হয়ে সেই থেকে বারবার আসা-যাওয়া করছিল। কিন্তু ১৮৮৫ খ্রিস্টাব্দের জুলাই মাসে ঠাকুরের কণ্ঠপীড়া হওয়ার আগে এভাবে কত লোক তাঁর কাছে এসেছিল, তার হিসাব করা সুকঠিন। কারণ, এক জায়গায় একই দিনে তাদের সকলের একত্র হওয়ার সুযোগ কখনও ঘটেনি। সে সুযোগ না ঘটায় একরকম ভালোই হয়েছিল, নইলে আমার পূজ্য দেশপূজ্য হচ্ছেন, আমার প্রিয়তমকে সকলে ভালোবাসছে ভেবে ঠাকুরের অন্তরঙ্গেরা তাঁর ভক্তসংখ্যার বৃদ্ধিতে এতদিন যে আনন্দ পাচ্ছিলেন, সেই সংখ্যার বাহুল্য দেখে তা অনেক আগেই বিষাদ ও ভীতিতে পরিণত হত; কারণ, তাঁর নিজের মুখে তাঁরা বারবার শুনেছিলেন, “অধিক লোক যখন (আমাকে) দেবজ্ঞানে মানবে, শ্রদ্ধা-ভক্তি করবে, তখনই এর (শরীরের) অন্তর্ধান হবে।”
নিজের দেহরক্ষার কালনিরূপণ সম্বন্ধে ঠাকুরের কথা
নিজের দেহরক্ষার কালনিরূপণ সম্বন্ধে ঠাকুর সময়ে সময়ে আমাদের অনেক ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তাঁর প্রেমে অন্ধ হয়ে আমরা তখন সে সব কথা শুনেও শুনিনি, বুঝেও হৃদয়ঙ্গম করতে পারিনি। তাঁর অলৌকিক কৃপা লাভ করে আমরা যেমন ধন্য হয়েছি, আমাদের আত্মীয়, বন্ধু ও পরিচিত সকলে তেমনই কৃপা লাভ করে শান্তির অধিকারী হোক—এই দিকেই তখন সকলের একমাত্র লক্ষ্য ছিল। সুতরাং তাঁর অদর্শনের কথা ভাবার অবসর কোথায়? কণ্ঠরোগ হওয়ার চার-পাঁচ বছর আগে ঠাকুর এ বিষয়ে শ্রীশ্রীমাতাঠাকুরাণীকে বলেছিলেন, “যখন যার-তার হাতে খাব, কলিকাতায় রাত কাটাব, এবং খাবারের অগ্রভাগ কাউকে দিয়ে অবশিষ্টাংশ নিজে গ্রহণ করব, তখন জানবে দেহরক্ষা করার বেশি দেরি নেই।” কণ্ঠরোগ হওয়ার কিছুকাল আগে থেকে ঘটনাও বাস্তবিক সেইরকমই হয়ে আসছিল। কলিকাতার নানা জায়গায় নানা লোকের বাড়িতে নিমন্ত্রিত হয়ে ঠাকুর অন্ন ছাড়া আর সব খাবার যার-তার হাতে খাচ্ছিলেন–কলিকাতায় এসে ঘটনাচক্রে শ্রীযুত বলরামের বাড়িতে এর আগে মধ্যে মধ্যে রাতও কাটিয়ে গিয়েছিলেন, এবং নরেন্দ্রনাথ আগে এক সময়ে অজীর্ণ রোগে আক্রান্ত হয়ে, দক্ষিণেশ্বরে তাঁর কাছে পথ্যের বন্দোবস্ত হবে না ভেবে, বহুদিন না আসায় ঠাকুর একদিন সকালে তাকে আনিয়ে নিজের জন্য তৈরি ঝোল-ভাতের অগ্রভাগ নরেন্দ্রনাথকে সকাল সকাল খাইয়ে অবশিষ্টাংশ নিজে গ্রহণ করেছিলেন। শ্রীশ্রীমাতাঠাকুরাণী তাতে আপত্তি করে তাঁর জন্য আবার রান্না করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে ঠাকুর বলেছিলেন, “নরেন্দ্রকে অগ্রভাগ দিতে মন সংকুচিত হচ্ছে না। এতে কোনো দোষ হবে না, তোমার আবার রাঁধার দরকার নেই।” শ্রীমা বলতেন, “ঠাকুর এভাবে বোঝালেও তাঁর আগের কথা মনে পড়ে আমার মন খারাপ হয়ে গিয়েছিল।”
ঠাকুরের শিবজ্ঞানে জীবসেবানুষ্ঠান
লোকশিক্ষা প্রদানের অত্যধিক পরিশ্রমে শরীর অবসন্ন হলেও এ বিষয়ে ঠাকুরের মনের উৎসাহ কখনও কমতে দেখা যায়নি। অধিকারী ব্যক্তি আসামাত্র তিনি কেমন করে প্রাণে প্রাণে তা বুঝতে পারতেন, এবং কোনো এক দৈবশক্তির আবেশে আত্মহারা হয়ে তাকে উপদেশ দিয়ে এবং স্পর্শাদি করে তার আধ্যাত্মিক উন্নতির পথ উন্মুক্ত করে দিতেন। সে যে ভাবের ভাবুক, ঠাকুরের মনে তখন সেই ভাব প্রবল হয়ে অন্য সব ভাবকে কিছুক্ষণের জন্য প্রচ্ছন্ন করে ফেলত, এবং সেই ভাবে সিদ্ধিলাভের দিকে ওই ব্যক্তি কতদূর গিয়ে আর অগ্রসর হতে পারছে না, তা দিব্যচক্ষে দেখতে পেয়ে তিনি তার পথের বাধাগুলি সরিয়ে তাকে উচ্চতর ভাবভূমিতে আরূঢ় করিয়ে দিতেন। এভাবে দেহপাতের আগের মুহূর্ত পর্যন্ত তিনি সর্বদা শিবজ্ঞানে জীবসেবার অনুষ্ঠান করে গেছেন, এবং শাস্ত্র যাকে সর্বশ্রেষ্ঠ দান বলে বর্ণনা করেছে, সেই অভয় পদের দিব্য জ্যোতিতে অভিষিক্ত করে আবালবৃদ্ধবনিতার জন্মজন্মাগত বাসনাপিপাসা চিরকালের মতো মিটিয়ে দিয়েছেন!
লোকের মনের গূঢ়ভাব ও সংস্কারসমূহ ধরার ঠাকুরের ক্ষমতা
লোকের মনের নিগূঢ় ভাব ও সংস্কারসমূহ ধরার ক্ষমতা আমরা তাঁর মধ্যে চিরকাল সমুজ্জ্বল দেখেছি। এটিকে এই কথার এক প্রকৃষ্ট প্রমাণ বলা যায় যে, শরীরের সুস্থতা বা অসুস্থতা তাঁর মনকে কখনও স্পর্শ করত না। কিন্তু অপরের অন্তরের রহস্য তিনি সম্পূর্ণভাবে জানতে পারলেও, নিজের অলৌকিক শক্তির পরিচয় দেওয়ার জন্য কখনও তা প্রকাশ করতেন না। যখন যতটুকু প্রকাশ করলে কারও যথার্থ কল্যাণ হত, তখন ততটুকু মাত্র প্রকাশ করে তাকে উচ্চপথ দেখিয়ে দিতেন। অথবা কোনো সৌভাগ্যবানের হৃদয়ে তাঁর প্রতি বিশ্বাস ও নির্ভরের ভাব অচল অটল করার জন্য তার কাছে ওই শক্তির পরিচয় দিতেন। পাঠকের বোঝার সুবিধা হবে বলে এ বিষয়ক সামান্য একটি দৃষ্টান্ত এখানে লিপিবদ্ধ করছি—
এ বিষয়ক দৃষ্টান্ত
ঠাকুরের কণ্ঠের বেদনা বেড়েছে শুনে ১৮৮৫ খ্রিস্টাব্দের শ্রাবণের শেষে আমাদের সুপরিচিত এক রমণী তাঁকে দেখতে যাচ্ছিলেন। পাড়ার অন্য এক রমণী সে কথা জানতে পেরে তাঁকে বললেন, “ঠাকুরকে দেওয়ার মতো আজ বাড়িতে দুধ ছাড়া আর কিছু নেই যা তোর হাতে পাঠাই; এক ঘটি দুধ নিয়ে যাবি?” প্রথম রমণী তাতে রাজি না হয়ে বললেন, “দক্ষিণেশ্বরে ভালো দুধের অভাব নেই, তাঁর জন্য দুধ বরাদ্দও আছে জানি, আর তা নিয়ে যাওয়াও হাঙ্গাম, তাই দুধ নিয়ে যাওয়ার দরকার নেই।” দক্ষিণেশ্বরে পৌঁছে তিনি দেখলেন, গলার ব্যথার জন্য দুধ-ভাত ছাড়া কোনো তরিতরকারি ঠাকুরের খাওয়া চলছে না, এবং কোনো কারণে গয়লানী সেদিন রোজকার বরাদ্দ দুধ দিতে না পারায় শ্রীশ্রীমাতাঠাকুরাণী বিশেষ চিন্তিত হয়ে আছেন। কলিকাতা থেকে দুধ নিয়ে না আসায় তিনি তখন বিশেষ অনুতপ্ত হলেন, এবং পাড়ায় কোথাও দুধ পাওয়া যায় কি না খোঁজ করতে করতে জানতে পারলেন, দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির অনতিদূরে ‘পাড়ে গিন্নি’ নামে পরিচিত এক হিন্দুস্থানী রমণীর গরু আছে, এবং সে দুধ বিক্রিও করে। তার বাড়িতে গিয়ে জানলেন, তার সব দুধ বিক্রি হয়ে গেছে; কেবল দেড়পোয়া আন্দাজ বাকি থাকায় সে তা জ্বাল দিয়ে রেখেছে। তিনি বিশেষ দরকার আছে বলায় সে ওই দুধ তাঁকে বিক্রি করল, এবং তিনি তা নিয়ে এলে ঠাকুর সেই দুধ দিয়েই সেদিন ভাত খেলেন। খাওয়ার পর ঠাকুর আচমন করতে উঠলে তিনি তাঁর হাতে জল ঢেলে দিলেন। তারপর ঠাকুর তাঁকে সহসা একান্তে ডেকে বললেন, “ওগো, আমার গলাটায় বড় বেদনা হয়েছে, তুমি রোগ আরাম করবার যে মন্ত্রটি জান তা উচ্চারণ করে একবার হাত বুলিয়ে দাও তো।” রমণীটি সে কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। এরপর ঠাকুরের ইচ্ছামতো তাঁর গলায় হাত বুলিয়ে দিয়ে শ্রীশ্রীমার কাছে এসে বলতে লাগলেন, “আমি যে ওই মন্ত্র জানি, উনি এ কথা কী করে জানতে পারলেন? ঘোষপাড়ার সম্প্রদায়ের এক রমণীর কাছে আমি সেটি সকাম কর্ম সাধনে বিশেষ সিদ্ধিদ জেনে অনেক আগে শিখে নিয়েছিলাম, পরে নিষ্কাম হয়ে ঈশ্বরকে ডাকাই জীবনের কর্তব্য জেনে তা ত্যাগ করেছি। জীবনের সব কথাই ঠাকুরকে বলেছি, কিন্তু কর্তাভজা মন্ত্র গ্রহণের কথা শুনলে পাছে উনি ঘৃণা করেন ভেবে ওই কথাটি তাঁর কাছে লুকিয়ে রেখেছিলাম—কেমন করে উনি তা টের পেলেন?” মাতাঠাকুরাণী তাঁর এ কথা শুনে হাসতে হাসতে বললেন, “ওগো, উনি সব কথা জানতে পারেন, অথচ মনমুখ এক করে সদুদ্দেশ্যে যে যা করেছে, তার জন্য তাকে কখনও ঘৃণা করেন না; তোমার ভয় নেই; আমিও এঁর (ঠাকুরের) কাছে আসার আগে ওই মন্ত্র গ্রহণ করেছিলাম, এখানে এসে সে কথা ওঁকে বলায় উনি বলেছিলেন, ‘মন্ত্র নিয়েছ তাতে ক্ষতি নেই, তা এখন ইষ্টপাদপদ্মে সমর্পণ করে দাও’।”
ব্যাধির বৃদ্ধিতে ঠাকুরের গলার ক্ষত থেকে রক্ত পড়া ও ভক্তদের তাঁকে কলিকাতায় আনার পরামর্শ
শ্রাবণ গিয়ে ক্রমে ভাদ্রেরও কিছুদিন কেটে গেল, কিন্তু ঠাকুরের গলার বেদনা হ্রাস না পেয়ে ক্রমে বেড়েই চলল। ভক্তেরা ভেবেচিন্তে কিছুই স্থির করতে পারছিলেন না, এমন সময়ে সহসা একদিন কলকাতায় এক ঘটনা ঘটে তাঁদের কর্তব্যের পথ স্পষ্ট দেখিয়ে দিল। বাগবাজারের একজন রমণী সেদিন তাঁর বাড়িতে ভক্তদের রাতের ভোজে নিমন্ত্রণ করেছিলেন। ঠাকুরকে আনার তাঁর বিশেষ আকাঙ্ক্ষা ছিল, কিন্তু ঠাকুরের শরীর অসুস্থ জেনে সেই আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন।
তবু যদি তিনি কোনোমতে কিছুক্ষণের জন্য একবার বেড়িয়ে যেতে পারেন, এই ভেবে একজন ভক্তকে অনুরোধ করে দক্ষিণেশ্বরে পাঠিয়েছিলেন। রাত নয়টা হয়ে গেলেও সেই লোকটি ফিরে না আসায় আর দেরি না করে তিনি সমবেত সকলকে খেতে বসাচ্ছেন, এমন সময়ে সে এই খবর নিয়ে ফিরে এল–ঠাকুরের কণ্ঠতালু থেকে আজ রক্ত বেরিয়েছে, সেজন্য আসতে পারলেন না। নরেন্দ্রনাথ, রাম, গিরিশ, দেবেন্দ্র, মাষ্টার (মহেন্দ্র) প্রভৃতি উপস্থিত সকলে বিশেষ চিন্তিত হলেন, এবং পরামর্শ করে স্থির করলেন, কলিকাতায় একখানি বাড়ি ভাড়া নিয়ে অচিরে ঠাকুরকে এনে চিকিৎসা করাতে হবে। খাওয়ার সময় নরেন্দ্রনাথকে বিষণ্ণ দেখে একজন যুবক কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, “যাঁকে নিয়ে এত আনন্দ, তিনি বুঝি এবার সরে যান—আমি ডাক্তারি গ্রন্থ পড়ে এবং ডাক্তার বন্ধুদের জিজ্ঞাসা করে জেনেছি, এ ধরনের কণ্ঠরোগ ক্রমে ‘ক্যান্সারে’ (Cancer) পরিণত হয়; আজ রক্তপড়ার কথা শুনে রোগটা সেটাই বলে সন্দেহ হচ্ছে; ওই রোগের ওষুধ এখনও আবিষ্কার হয়নি।”
ঠাকুরের চিকিৎসার জন্য কলিকাতায় আগমন ও বলরামের ভবনে অবস্থান
পরদিন ভক্তদের মধ্যে প্রবীণ কয়েকজন দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে কলিকাতায় থেকে চিকিৎসা করানোর জন্য অনুরোধ করলে তিনি সম্মত হলেন। বাগবাজারে দুর্গা চরণ মুখার্জি স্ট্রীটের ছোট একখানি বাড়ির ছাদ থেকে গঙ্গাদর্শন হয় দেখে ভক্তেরা সেটি ভাড়া নিয়ে অল্পদিন পরে তাঁকে কলিকাতায় নিয়ে এলেন। কিন্তু ভাগীরথীতীরে কালীবাড়ির প্রশস্ত বাগানের মুক্ত বাতাসে থাকতে অভ্যস্ত ঠাকুর সেই স্বল্পপরিসর বাড়িতে ঢুকেই, সেখানে বাস করতে পারবেন না বুঝে, তৎক্ষণাৎ হেঁটে রামকান্ত বসুর স্ট্রীটে বলরাম বসুর ভবনে চলে এলেন। বলরাম তাঁকে সাদরে গ্রহণ করলেন, এবং মনের মতো বাড়ি যতদিন না পাওয়া যায় ততদিন তাঁকে নিজের কাছে থাকতে অনুরোধ করায় ঠাকুর সেখানে থেকে গেলেন।
প্রসিদ্ধ বৈদ্যদের এনে ঠাকুরের রোগ নিরূপণ ও শ্যামপুকুরের বাড়ি ভাড়া
বাড়ির খোঁজ চলতে লাগল। বৃথা সময় নষ্ট করা উচিত নয় ভেবে ভক্তেরা ইতিমধ্যে একদিন কলিকাতার সুপ্রসিদ্ধ বৈদ্যদের এনে ঠাকুরের ব্যাধি সম্বন্ধে মতামত নিলেন। গঙ্গাপ্রসাদ, গোপীমোহন, দ্বারিকানাথ, নবগোপাল প্রভৃতি অনেক কবিরাজ সেদিন ডাক পেয়ে এসে ঠাকুরকে পরীক্ষা করলেন, এবং তাঁর রোহিণী নামে দুশ্চিকিৎস্য ব্যাধি হয়েছে বলে স্থির করলেন। যাওয়ার সময় একজন ভক্ত একান্তে জিজ্ঞাসা করলে গঙ্গাপ্রসাদ তাঁকে বললেন, “ডাক্তারেরা যাকে ক্যান্সার বলে, রোহিণী তা-ই; শাস্ত্রে এর চিকিৎসার বিধান থাকলেও তা অসাধ্য বলে নির্ণীত হয়েছে।” কবিরাজদের কাছে বিশেষ কোনো আশা না পেয়ে এবং বেশি ওষুধ ব্যবহার ঠাকুরের ধাতুতে কোনোকালে সয় না জেনে, ভক্তেরা হোমিওপ্যাথি মতে তাঁর চিকিৎসা করানোই যুক্তিযুক্ত মনে করলেন। এক সপ্তাহের মধ্যেই শ্যামপুকুর ষ্ট্রীটে অবস্থিত গোকুলচন্দ্র ভট্টাচার্যের বৈঠকখানা-বাড়িটি ঠাকুরের থাকার জন্য ভাড়া নেওয়া হল, এবং কলিকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসায় কিছুদিন তাঁকে রাখা হবে বলে সকলে একমত হলেন।
ঠাকুরকে দেখার জন্য বলরাম-ভবনে বহু লোকের ভিড়
এদিকে চিকিৎসার জন্য ঠাকুরের কলিকাতায় আসার কথা শহরের সর্বত্র লোকমুখে ছড়িয়ে পড়ল, এবং পরিচিত অপরিচিত বহু লোক তাঁর দর্শনমানসে যখন তখন দলে দলে এসে বলরামের ভবনকে উৎসবস্থলের মতো আনন্দময় করে তুলল। ডাক্তারের নিষেধ ও ভক্তদের সকরুণ প্রার্থনায় সময়ে সময়ে নীরব থাকলেও ঠাকুর যেরকম উৎসাহে তাদের সঙ্গে ধর্মালাপ শুরু করলেন, তা দেখে বোধ হল তিনি যেন সেই উদ্দেশ্যেই এখানে এসেছেন, যেন দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়া যাদের পক্ষে সুগম নয় তাদেরকে ধর্মালোক দেওয়ার জন্যই তিনি কিছুকালের জন্য তাদের দ্বারে উপস্থিত হয়েছেন! সকাল থেকে খাওয়ার সময় পর্যন্ত, এবং খাওয়ার শেষে ঘণ্টা দুয়েক বিশ্রামের পর থেকেই রাত্রির আহার ও শোয়ার সময় পর্যন্ত, সেই সপ্তাহের প্রতিদিন তিনি বহু লোকের ব্যক্তিগত জীবনের জটিল প্রশ্নগুলির সমাধান করে দিতেন, নানাভাবে ঈশ্বরীয় কথার আলোচনায় বহু লোককে আধ্যাত্মিক পথে আকৃষ্ট করতেন, এবং ভজন-সংগীতাদি শুনে গভীর সমাধিরাজ্যে প্রবেশ করে বহু পিপাসুর প্রাণ শান্তি ও আনন্দের প্লাবনে পূর্ণ ও উচ্ছলিত করতেন। সব দিন সব সময়ে উপস্থিত থাকার সৌভাগ্য আমাদের কারও ঘটেনি, গৃহস্বামীকেও ঠাকুরের এবং ভক্তদের জন্য নানা বন্দোবস্ত করতে অনেক সময়ে অন্য জায়গায় ব্যস্ত থাকতে হত, সুতরাং সেই সপ্তাহের বিস্তারিত বিবরণ পাওয়া একরকম অসম্ভব বলেই মনে হয়। অতএব ঠাকুর বলরামের ভবনে এই কদিন কীভাবে কাটিয়েছিলেন, তা পাঠককে বোঝানোর জন্য নিচে একটিমাত্র ঘটনার কথা বলেই আমরা থামব।
বলরাম ভবনে একদিনের ঘটনা
আমরা তখন কলেজে পড়তাম, সুতরাং সপ্তাহের মধ্যে দু-একদিন মাত্র ঠাকুরকে দেখতে আসার সুযোগ পেতাম। এমনই একদিন বিকেলে বলরামের ভবনে এসে দেখি, দোতলার বড় ঘরখানি লোকে পূর্ণ, এবং গিরিশচন্দ্র ও কালীপদ[1] মহোৎসাহে গান ধরেছেন–
আমায় ধর নিতাই।
আমার প্রাণ যেন আজ করে রে কেমন।
কোনোমতে ভিতরে ঢুকে দেখলাম, ঘরের পশ্চিম প্রান্তে পূর্বমুখে বসে ঠাকুর সমাধিস্থ হয়েছেন। তাঁর মুখে প্রসন্নতা ও আনন্দের অপূর্ব হাসি, দক্ষিণ চরণ উত্থিত ও প্রসারিত, এবং সামনে বসে এক ব্যক্তি পরম প্রেমের সঙ্গে সেই চরণখানি অতি সন্তর্পণে বুকে ধরে রয়েছে। ঠাকুরের পদপ্রান্তে যে এভাবে বসে আছে, তার চোখ নিমীলিত এবং মুখ ও বুক নয়নধারায় সিক্ত হচ্ছে। ঘর নিস্তব্ধ এবং একটা দিব্যাবেশে জম্ জম্ করছে। গান চলতে লাগল
আমার প্রাণ যেন আজ করে রে কেমন,
আমায় ধর নিতাই।
(নিতাই) জীবকে হরিনাম বিলাতে
উঠল যে ঢেউ প্রেমনদীতে
সেই তরঙ্গে এখন আমি ভাসিয়ে যাই।
(নিতাই) খত লিখেছি আপন হাতে
অষ্ট সখী সাক্ষী তাতে
(এখন) কি দিয়ে শুধিব আমি প্রেমের মহাজন।
(আমার) সঞ্চিত ধন ফুরাইল
তবু ঋণের শোধ না হ’ল,
প্রেমের দায়ে এখন আমি বিকাইয়ে যাই।
গান সাঙ্গ হলে খানিকক্ষণ পরে ঠাকুর অর্ধবাহ্যদশা প্রাপ্ত হয়ে সামনের ব্যক্তিকে বললেন, “বল শ্রীকৃষ্ণচৈতন্য-বল শ্রীকৃষ্ণচৈতন্য- বল শ্রীকৃষ্ণচৈতন্য।” এভাবে উপর্যুপরি তিন বার তাকে সেই নাম উচ্চারণ করানোর কিছুক্ষণ পরে ঠাকুর আবার প্রকৃতিস্থ হয়ে অন্যদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলেন। পরে জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছিলাম, সেই ব্যক্তির নাম নৃত্যগোপাল গোস্বামী, ঢাকার এক কলেজে তিনি পড়ান, ঠাকুরের অসুখের কথা শুনে তাঁকে দেখতে এসেছেন। গোস্বামী যেমন ভক্তিমান, দেখতেও তেমনি সুপুরুষ ছিলেন।
[1] গিরিশচন্দ্র ঘোষ ও কালীপদ ঘোষ
শ্যামপুকুরের বাড়ির পরিচয়
ঠাকুরের জন্য যে বাড়িখানি এবার ভাড়া নেওয়া হল, সেটি পূর্ব-পশ্চিমে বিস্তৃত শ্যামপুকুর স্ট্রীটের উত্তর পাশে অবস্থিত। উত্তরমুখে বাড়িতে ঢুকেই বাঁ দিকে ও ডান দিকে বসার চাতাল ও স্বল্পপরিসর ‘রক’ দেখা যেত। সেগুলি পেরিয়ে কয়েক পা এগোলেই ডান দিকে দোতলায় ওঠার সিঁড়ি ও সামনে উঠান। উঠানের পূর্ব দিকে দু-তিনখানি ছোট ছোট ঘর। সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান দিকে উত্তর-দক্ষিণে বিস্তৃত একখানি লম্বা ঘর, সেটিই সর্বসাধারণের জন্য নির্দিষ্ট ছিল, এবং বাঁ দিকে পূর্ব-পশ্চিমে বিস্তৃত ঘরগুলিতে যাওয়ার পথ। সেই পথ দিয়ে প্রথমেই বৈঠকখানা ঘর নামে অভিহিত সুপ্রশস্ত ঘরখানিতে ঢোকার দরজা—এই ঘরে ঠাকুর থাকতেন। সেই ঘরের উত্তরে ও দক্ষিণে বারান্দা, তার মধ্যে উত্তরের বারান্দাটি বেশি চওড়া ছিল, এবং পশ্চিমে ছোট ছোট দুখানি ঘর—একখানিতে ভক্তদের কেউ কেউ রাতে শুত, এবং অন্যখানি শ্রীশ্রীমাতাঠাকুরাণীর রাত্রিবাসের জন্য নির্দিষ্ট ছিল। তা ছাড়া সাধারণের জন্য নির্দিষ্ট ঘরখানির পশ্চিমে স্বল্পপরিসর বারান্দা, ঠাকুরের ঘরে যাওয়ার পথের পূর্ব পাশে ছাদে ওঠার সিঁড়ি, এবং ছাদে যাওয়ার দরজার পাশে চার হাত আন্দাজ লম্বা ও ততটাই চওড়া একটি ঢাকা চাতাল ছিল। শ্রীশ্রীমাতাঠাকুরাণী সেই চাতালটিতেই সমস্ত দিন কাটাতেন এবং সেখানেই ঠাকুরের জন্য প্রয়োজনীয় পথ্য রান্না করতেন। ভাদ্র মাসের শেষার্ধের কোনো এক সময়ে, ইংরেজি ১৮৮৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের শুরুতে, ঠাকুর বলরামের বাড়ি থেকে এখানে এসে তিন মাসের কিছু বেশি সময় কাটিয়েছিলেন, এবং অগ্রহায়ণ শেষ হতে দু-এক দিন বাকি থাকতে কাশীপুরের বাগানবাড়িতে উঠে গিয়েছিলেন।
ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসার ভার গ্রহণ
শ্যামপুকুরের বাড়িতে আসার কয়েক দিন পরেই ভক্তেরা আগের পরামর্শমতো ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে ঠাকুরের চিকিৎসার জন্য ডেকে আনল। মথুর বাবু জীবিত থাকতে তাঁর পরিবারের লোকজনের চিকিৎসার জন্য ডাক্তার কয়েকবার দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সঙ্গে সামান্য পরিচিত হয়েছিলেন, কিন্তু সে অনেক দিনের কথা, লব্ধপ্রতিষ্ঠ ডাক্তারের তা মনে না থাকাই সম্ভব, তাই কাকে দেখতে আসছেন তা না বলেই ভক্তেরা তাঁকে ডেকে এনেছিলেন। দেখামাত্র তিনি কিন্তু ঠাকুরকে চিনতে পারলেন, এবং বহু যত্নে পরীক্ষা ও রোগনির্ণয় করে ওষুধ-পথ্যের ব্যবস্থা করার পর দক্ষিণেশ্বর-কালীবাড়ি সম্বন্ধীয় কথায় ও ধর্মালাপে অল্প সময় কাটিয়ে সেদিন তাঁর কাছ থেকে বিদায় নিলেন। যতদূর মনে আছে, ডাক্তার সেদিন ভক্তদের রোজ সকালে ঠাকুরের শারীরিক অবস্থার খবর তাঁকে জানিয়ে আসতে বলেছিলেন, এবং যাওয়ার সময় তারা তাঁর নির্ধারিত পারিশ্রমিক দিলে তা গ্রহণ করেছিলেন। কিন্তু দ্বিতীয় দিন ঠাকুরকে দেখতে এসে যখন তিনি কথায় কথায় জানতে পারলেন, ভক্তেরাই তাঁকে চিকিৎসার জন্য কলিকাতায় এনে খরচ চালাচ্ছে, তখন তাদের গুরুভক্তি দেখে প্রীত হয়ে আর পারিশ্রমিক নিলেন না—বললেন, “আমি বিনা পারিশ্রমিকে যথাসাধ্য চিকিৎসা করে তোমাদের সৎকাজে সাহায্য করব।”
পথ্য ও রাতে সেবার বন্দোবস্তের পরামর্শ
এভাবে সুবিজ্ঞ চিকিৎসকের সাহায্য পেয়েও ভক্তেরা নিশ্চিন্ত হতে পারল না। কয়েক দিনের মধ্যেই তারা বুঝতে পারল, বিশেষ সতর্কতার সঙ্গে পথ্য তৈরি করার এবং দিনের মতো রাতেও ঠাকুরের দরকারমতো সেবা করার জন্য লোক রাখা প্রয়োজন। কেবলমাত্র খরচ জুগিয়ে এই দুই অভাবের একটিও যথাযথভাবে দূর হবার নয় ভেবে তারা তখন দক্ষিণেশ্বর থেকে শ্রীশ্রীমাতাঠাকুরাণীকে এনে প্রথমটি, এবং ঠাকুরের বালক-ভক্তদের সাহায্যে দ্বিতীয়টি মেটাবে বলে পরামর্শ করে স্থির করল। এই দুই অভাব এভাবে মেটানোর পথে কিন্তু বিষম অন্তরায় দেখা গেল। কারণ, বাড়িতে স্ত্রীলোকদের থাকার জন্য নির্দিষ্ট অন্দরমহল না থাকায় শ্রীশ্রীমা এখানে কীভাবে একা এসে থাকবেন, তা বুঝে ওঠা দুষ্কর হল; এবং স্কুল-কলেজের ছাত্র বালক-ভক্তেরা ঠাকুরের সেবার জন্য এখানে এসে রোজ রাত জাগলে অভিভাবকদের বিষম অসন্তোষ দেখা দেবে, এ কথা হৃদয়ঙ্গম করতে কারও দেরি হল না।
শ্রীশ্রীমাতাঠাকুরাণীর লজ্জাশীলতার দৃষ্টান্ত
শ্রীশ্রীমাতাঠাকুরাণীর অপূর্ব লজ্জাশীলতার কথাও স্মরণ করে ভক্তদের অনেকে তাঁর আসা নিয়ে বিশেষ সন্দিহান হল। দক্ষিণেশ্বর-উদ্যানের উত্তরের নহবতখানায় থেকে তিনি ঠাকুরের সেবায় প্রতিদিন নিযুক্ত থাকলেও, দু-চারজন বালক-ভক্ত ছাড়া—যাদের সঙ্গে ঠাকুর নিজে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন—আর কেউ এতকাল কখনও তাঁর শ্রীচরণ দর্শন করেনি, বা তাঁর কথাবার্তা শোনেনি। সেই স্বল্পপরিসর জায়গায় সমস্ত দিন থেকে তিনি ঠাকুরের ও ভক্তদের জন্য ভাত-তরকারি প্রভৃতি খাবারদাবার দুবেলা তৈরি করে দিলেও, সেখানে কেউ যে এমন কাজে নিযুক্ত আছেন, তা কেউই বুঝতে পারত না। রাত ৩টা বাজার অল্প পরে, অন্য কেউ ওঠার অনেক আগে, প্রতিদিন বিছানা ছেড়ে উঠে শৌচ-স্নান সেরে তিনি সেই যে ঘরের ভিতরে ঢুকতেন, সমস্ত দিন আর বেরোতেন না—নীরবে, নিঃশব্দে অদ্ভুত তৎপরতার সঙ্গে সব কাজ সম্পন্ন করে পূজা-জপ-ধ্যানে নিযুক্ত থাকতেন। অন্ধকার রাতে নহবতখানার সামনের বকুলতলার ঘাটের সিঁড়ি বেয়ে গঙ্গায় নামার সময় তিনি একদিন এক প্রকাণ্ড কুমিরের গায়ে প্রায় পা দিয়ে ফেলেছিলেন—কুমিরটা ডাঙায় উঠে ধাপের উপর শুয়ে ছিল, তাঁর সাড়া পেয়ে জলে লাফিয়ে পড়ল! সেই থেকে সঙ্গে আলো না নিয়ে তিনি কখনও ঘাটে নামতেন না।
শ্রীশ্রীমাকে শ্যামপুকুরে আনার প্রস্তাব
এতকাল সেখানে থেকেও যিনি এভাবে কখনও কারও চোখে পড়েননি, তিনি সবরকম সংকোচ ও লজ্জা হঠাৎ ছেড়ে কীভাবে এই বাড়িতে পুরুষদের মধ্যে এসে সর্বক্ষণ বাস করবেন—তা ভক্তদের কেউই ভেবে ঠিক করতে পারল না। অথচ উপায়ান্তর না দেখে তারা তাঁকে আনার প্রস্তাব ঠাকুরের কাছে তুলতে বাধ্য হল। ঠাকুর তা শুনে শ্রীশ্রীমার ওইরকম স্বভাবের কথা মনে করিয়ে দিয়ে বললেন, “সে কি এখানে এসে থাকতে পারবে? যা হোক, তাকে জিজ্ঞাসা করে দেখো, সব কথা জেনেশুনে সে আসতে চায় তো আসুক।” দক্ষিণেশ্বরে শ্রীশ্রীমাতাঠাকুরাণীর কাছে লোক পাঠানো হল।
শ্রীশ্রীমার দেশ-কাল-পাত্রানুযায়ী কাজ করার শক্তি
‘যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন’—ঠাকুর বলতেন, এভাবে দেশ-কাল-পাত্র-ভেদ বিবেচনা করে সংসারে সব কাজ করতে এবং নিজেকে চালাতে না পারলে কেউ শান্তি লাভ করতে, অথবা নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। সংকোচ ও লজ্জা-রূপ আবরণের দুর্ভেদ্য অন্তরালে সর্বতোভাবে থাকলেও শ্রীশ্রীমাতাঠাকুরাণী ঠাকুরের কাছে এই উপদেশ পেয়ে নিজের জীবন নিয়ন্ত্রিত করতে শিখেছিলেন। প্রয়োজন দেখা দিলে তিনি পূর্ব সংস্কার ও অভ্যাসের আবরণগুলি থেকে নিজেকে বের করে এনে নির্ভয়ে যথাযথ আচরণ করতে কতটা সমর্থ ছিলেন, তা তাঁর দক্ষিণেশ্বরে প্রথম আসার বিবরণ[1] এবং নিম্নলিখিত ঘটনা থেকে পাঠক সম্যক হৃদয়ঙ্গম করবেন–
কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে আসার পথ
কম খরচের যানবাহনের অভাব, অর্থাভাব প্রভৃতি নানা কারণে শ্রীশ্রীমাতাঠাকুরাণীকে সেকালে অনেক সময়ে জয়রামবাটী ও কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে হেঁটে আসতে হত। এভাবে আসতে হলে পথিকদের জাহানাবাদ (আরামবাগ) পর্যন্ত গিয়ে চার-পাঁচ ক্রোশ-ব্যাপী তেলোভেলোর মাঠ পেরিয়ে তারকেশ্বরে, এবং সেখান থেকে কৈকলার মাঠ পেরিয়ে বৈদ্যবাটীতে এসে গঙ্গা পার হতে হত। সেই দুই বিস্তীর্ণ প্রান্তরে তখন ডাকাতদের ঘাঁটি ছিল। সকালে, দুপুরে, সন্ধ্যায় এখানে অনেক পথিক তাদের হাতে প্রাণ হারিয়েছে, এমন কথা এখনও শোনা যায়। প্রায় পাশাপাশি অবস্থিত তেলো-ভেলো নামে দুটি ছোট গ্রামের এক ক্রোশ আন্দাজ দূরে প্রান্তরের মাঝখানে এখনও করালবদনা, সুভীষণা এক কালীমূর্তির দর্শন মেলে। জনসাধারণের কাছে ইনি তেলোভেলোর ‘ডাকাতে কালী’ নামে প্রসিদ্ধ। লোকে বলে, এঁর পূজা করে ডাকাতেরা নরহত্যার নৃশংস কাজে নামত। ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পথিকেরা সেই সময়ে দলবদ্ধ না হয়ে এই দুই প্রান্তর পার হতে সাহস করত না।
শ্রীশ্রীমা পদব্রজে তারকেশ্বরে আসার সময়ের ঘটনা
ঠাকুরের মেজদা রামেশ্বরের মেয়ে ও ছোট ছেলে, এবং আরও কয়েকজন স্ত্রী-পুরুষের সঙ্গে শ্রীশ্রীমাতাঠাকুরাণী একবার হেঁটে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে আসছিলেন। আরামবাগে পৌঁছে, সন্ধ্যার আগে তেলোভেলোর প্রান্তর পার হওয়ার যথেষ্ট সময় আছে ভেবে, তাঁর সঙ্গীরা সেখানে থেমে রাত কাটাতে অনিচ্ছা প্রকাশ করতে লাগল। পথশ্রমে ক্লান্তি বোধ করলেও শ্রীশ্রীমা সেজন্য কাউকে কিছু না বলে তাদের সঙ্গে এগিয়ে চললেন। কিন্তু দু-ক্রোশ পথ যেতে না যেতেই দেখা গেল, তিনি সঙ্গীদের সঙ্গে সমান তালে চলতে না পেরে পিছিয়ে পড়ছেন। তখন তারা তাঁর জন্য কিছুক্ষণ অপেক্ষা করল, এবং তিনি কাছে এলে তাঁকে তাড়াতাড়ি চলতে বলে আবার গন্তব্যের পথে চলতে লাগল। তারপর প্রান্তরের মধ্যে এসে তারা দেখল, তিনি আবার সকলের অনেক পিছনে ধীরে ধীরে আসছেন। আবার তারা তাঁর জন্য সেখানে অপেক্ষা করে রইল, এবং তিনি কাছে এলে বলল, এভাবে চললে এক প্রহর রাতের মধ্যেও প্রান্তর পার হওয়া যাবে না, আর সকলকে ডাকাতের হাতে পড়তে হবে। এতগুলি লোকের অসুবিধা ও আশঙ্কার কারণ হয়েছেন দেখে শ্রীশ্রীমা তখন তাঁর জন্য পথে অপেক্ষা করতে তাদের নিষেধ করে বললেন, “তোমরা একেবারে তারকেশ্বরের চটিতে পৌঁছে বিশ্রাম কর গে, আমি যত শীঘ্র পারি তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি।” বেলা বেশি নেই দেখে, এবং তাঁর সেই কথার উপর নির্ভর করে, সঙ্গীরা আর দেরি করল না, আরও জোরে পথ চলে শিগগিরই দৃষ্টির বাইরে চলে গেল।
তেলোভেলোর প্রান্তরে
শ্রীশ্রীমা তখন যথাসাধ্য দ্রুত পায়ে চলতে লাগলেন, কিন্তু শরীর নিতান্ত অবসন্ন হওয়ায় তিনি প্রান্তরের মধ্যে পৌঁছনোর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে এল। বিষম চিন্তিত হয়ে তিনি কী করবেন ভাবছেন, এমন সময় দেখলেন, দীর্ঘাকার, ঘোরতর কৃষ্ণবর্ণ এক পুরুষ লাঠি কাঁধে নিয়ে তাঁকে লক্ষ্য করে দ্রুত পায়ে এগিয়ে আসছে। তার পিছনে দূরে তার সঙ্গীর মতো একজন লোকও আসছে বলে বোধ হল। পালানো বা চিৎকার করা বৃথা বুঝে শ্রীশ্রীমা তখন স্থির হয়ে দাঁড়িয়ে সশঙ্কচিত্তে তাদের আসার প্রতীক্ষা করতে লাগলেন।
বাগদি পাইক ও তার পত্নী
কয়েক মুহূর্তের মধ্যে সেই পুরুষ কাছে এসে তাঁকে কর্কশ স্বরে প্রশ্ন করল, “কে গা এ সময়ে এখানে দাঁড়িয়ে আছ?” শ্রীশ্রীমা তখন তাকে প্রসন্ন করার উদ্দেশ্যে বাবা বলে ডেকে একেবারে তার শরণাপন্ন হয়ে বললেন, “বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, বোধ হয় আমি পথও ভুলেছি, তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রাণী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তাঁর কাছেই যাচ্ছি, তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তা হলে তিনি তোমাকে বিশেষ সমাদর করবেন।” এই কথাগুলি বলতে না বলতে সেই দ্বিতীয় লোকটিও সেখানে এসে পৌঁছল, এবং শ্রীশ্রীমা দেখলেন, সে পুরুষ নয়, রমণী, আগে আসা পুরুষটির পত্নী। সেই রমণীকে দেখে বিশেষ আশ্বস্ত হয়ে শ্রীশ্রীমা তখন তার হাত ধরে, মা বলে ডেকে বললেন, “মা, আমি তোমার মেয়ে সারদা, সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলাম; ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে, নইলে কী করতাম বলতে পারি না।”
তেলোভেলোয় রাত্রিবাস এবং পাইক ও তার পত্নীর যত্ন
শ্রীশ্রীমার এমন নিঃসংকোচ সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্টি কথায় বাগদি পাইক ও তার পত্নীর প্রাণ একেবারে বিগলিত হল। সামাজিক আচার ও জাতির কথা ভুলে তারা সত্যি সত্যিই তাঁকে নিজেদের মেয়ের মতো দেখে অশেষ সান্ত্বনা দিতে লাগল! পরে তাঁর শারীরিক অবসন্নতার কথা আলোচনা করে তারা তাঁকে গন্তব্যের পথে এগোতে না দিয়ে কাছের তেলোভেলো গ্রামের এক ছোট দোকানে নিয়ে গিয়ে রাত্রিবাসের বন্দোবস্ত করল। রমণী নিজের কাপড়চোপড় বিছিয়ে তাঁর জন্য বিছানা করল, এবং পুরুষটি দোকান থেকে মুড়িমুড়কি কিনে তাঁকে খেতে দিল। এভাবে বাবা-মায়ের মতো আদর ও স্নেহে তাঁকে ঘুম পাড়িয়ে ও রক্ষা করে তারা সমস্ত রাত কাটাল; এবং ভোরে তাঁকে তুলে সঙ্গে নিয়ে, দু-চার দণ্ড বেলা হলে তারকেশ্বরে পৌঁছল, এবং এক দোকানে আশ্রয় নিয়ে তাঁকে বিশ্রাম করতে বলল। তারপর রমণী তার স্বামীকে সম্বোধন করে বলল, “আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি, বাবার (তারকনাথের) পূজা-আর্চা শিগগির সেরে বাজার থেকে মাছ, তরিতরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে।”
তারকেশ্বরে পৌঁছনোর পরে ও পাইকের সঙ্গে বিদায়ের সময়
পুরুষটি সেই সব কাজ করতে চলে গেলে শ্রীশ্রীমাতাঠাকুরাণীর সঙ্গী ও সঙ্গিনীরা তাঁকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ল, এবং তিনি নিরাপদে পৌঁছেছেন দেখে আনন্দ প্রকাশ করতে লাগল। তখন শ্রীশ্রীমা তাঁর রাতের আশ্রয়দাতা বাবা-মায়ের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, “এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাতে যে কী করতাম, তা বলতে পারি না।” তারপর সকলে পূজা, রান্না ও খাওয়াদাওয়া শেষ করে কিছুক্ষণ সেখানে বিশ্রাম নিয়ে বৈদ্যবাটীর দিকে রওনা হওয়ার জন্য তৈরি হলে শ্রীশ্রীমাতাঠাকুরাণী সেই পুরুষ ও রমণীকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বিদায় চাইলেন। শ্রীশ্রীমা বলেন, “এক রাতের মধ্যে আমরা পরস্পরকে এতটা আপনার করে নিয়েছিলাম যে, বিদায় নেওয়ার সময় ব্যাকুল হয়ে অজস্র ধারায় কাঁদতে লাগলাম। শেষে সুবিধামতো দক্ষিণেশ্বরে আমাকে দেখতে আসতে বারবার অনুরোধ করে, সে কথায় রাজি করিয়ে নিয়ে অতি কষ্টে তাদের ছেড়ে এলাম। আসার সময় তারা অনেক দূর পর্যন্ত আমাদের সঙ্গে এসেছিল, এবং রমণী পাশের খেত থেকে কতকগুলি কলাইশুঁটি তুলে আমার আঁচলে বেঁধে দিতে দিতে কাতরকণ্ঠে বলেছিল, ‘মা সারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন এগুলি দিয়ে খাস’। সেই অঙ্গীকার তারা রেখেছিল। মিষ্টি-মিঠাই নিয়ে আমাকে দেখতে মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণেশ্বরে এসেছিল। উনিও (ঠাকুর) আমার কাছ থেকে সব কথা শুনে, তারা যখন এসেছিল তখন জামাইয়ের মতো ব্যবহারে ও আদর-আপ্যায়নে তাদের পরিতৃপ্ত করেছিলেন। এখন সরল ও সচ্চরিত্র হলেও আমার ডাকাত-বাবা আগে কখনও কখনও যে ডাকাতি করেছিল, এ কথা কিন্তু আমার মনে হয়।”
শ্রীশ্রীমা শ্যামপুকুরে এসে যেভাবে বাস করেছিলেন
ডাক্তারের উপদেশমতো সুপথ্য তৈরি করার লোকের অভাবে ঠাকুরের রোগবৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে, শোনামাত্র শ্রীশ্রীমাতাঠাকুরাণী নিজের থাকার সুবিধা-অসুবিধার কথা কিছুমাত্র না ভেবে শ্যামপুকুরের বাড়িতে এসে সেই ভার সানন্দে গ্রহণ করলেন। একমহল বাড়িতে, অপরিচিত পুরুষদের মধ্যে, সবরকম শারীরিক অসুবিধা সহ্য করে তিন মাস এখানে থেকে তিনি যেভাবে নিজের কর্তব্য পালন করেছিলেন, তা ভাবলে বিস্মিত হতে হয়। স্নানাদি করার একটিমাত্র জায়গা সকলের জন্য নির্দিষ্ট থাকায়, রাত ৩টার আগে বিছানা ছেড়ে উঠে তিনি কখন যে সেসব কাজ সেরে তিনতলায় ছাদের সিঁড়ির পাশের চাতালে উঠে যেতেন, তা কেউ জানতে পারত না। সমস্ত দিন সেখানে কাটিয়ে যথাসময়ে ঠাকুরের জন্য পথ্য তৈরি করে তিনি বৃদ্ধ স্বামী অদ্বৈতানন্দ (এখন পরলোকগত), অথবা স্বামী অদ্ভুতানন্দকে দিয়ে সেই খবর নিচে পাঠাতেন—তখন সুবিধা হলে লোকজন সরিয়ে তাঁকে তা এনে ঠাকুরকে খাওয়াতে বলা হত, নইলে আমরাই তা নিয়ে আসতাম। দুপুরে তিনি সেখানে নিজে আহার ও বিশ্রাম করতেন, এবং রাত ১১টার সময় সকলে ঘুমিয়ে পড়লে সেখান থেকে নেমে দোতলায় তাঁর জন্য নির্দিষ্ট ঘরে এসে রাত দুটো পর্যন্ত শুয়ে থাকতেন। ঠাকুরকে রোগমুক্ত করার আশায় বুক বেঁধে তিনি দিনের পর দিন এভাবে কাটিয়ে দিতেন, এবং এমন নীরবে নিঃশব্দে সর্বদা থাকতেন যে, যারা রোজ এখানে আসা-যাওয়া করত তাদের অনেকেও জানতে পারত না, তিনি এখানে বাস করে ঠাকুরের সর্বপ্রধান সেবাকাজের ভার নিয়ে রয়েছেন।
বালক-ভক্তদের ঠাকুরের সেবার ভার গ্রহণ
পথ্যের বিষয়টি এভাবে মীমাংসা হলে ভক্তেরা রাতে ঠাকুরের সেবা করার লোকের অভাব দূর করার দিকে মন দিল। শ্রীযুত নরেন্দ্র তখন সেই ভার নিজেই নিয়ে রাতে এখানে থাকতে লাগলেন, এবং নিজের দৃষ্টান্তে উৎসাহিত করে গোপাল (ছোট), কালী, শশী প্রভৃতি কয়েকজন কর্মঠ যুবক ভক্তকে তেমনই করার দিকে আকৃষ্ট করলেন। ঠাকুরের প্রতি প্রেমে নরেন্দ্রের অসীম স্বার্থত্যাগ, প্রবল প্রেরণাপূর্ণ পূত আলাপ ও পবিত্র সঙ্গের প্রভাবে তারা সকলেও নিজ নিজ স্বার্থ পরিত্যাগ করে শ্রীগুরুর সেবা এবং ঈশ্বরলাভের উচ্চ উদ্দেশ্যে জীবন নিয়ন্ত্রিত করতে দৃঢ় সংকল্প করল। তাদের অভিভাবকেরা যতদিন না সে কথা বুঝতে পারলেন, ততদিন পর্যন্ত তারা যে শ্যামপুকুরের বাড়িতে এসে ঠাকুরের সেবা করছে, তাতে আপত্তি করলেন না। কিন্তু ঠাকুরের রোগবৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন তারা সেবাকাজে সমগ্র প্রাণ ঢেলে দিয়ে কলেজে পড়াশোনা এবং নিজ নিজ বাড়িতে খেতে যাওয়া পর্যন্ত বন্ধ করল, তখন অভিভাবকদের মনে প্রথমে সন্দেহ এবং পরে আতঙ্ক দেখা দেওয়ায় তাঁরা তাদের ফেরানোর জন্য ন্যায্য-অন্যায্য নানা উপায় অবলম্বন করতে লাগলেন। নরেন্দ্রনাথের দৃষ্টান্ত, প্রেরণা এবং উৎসাহ ছাড়া তারা সেসব বাধা-বিঘ্ন অতিক্রম করে সর্বোচ্চ কর্তব্যপথে কখনোই যে অচল-অটল হয়ে থাকতে পারত না, এ কথা বলা বাহুল্য। এভাবে শ্যামপুকুরের বাড়িতে চার-পাঁচ জন মাত্র জীবন উৎসর্গ করে এই সেবাব্রত আরম্ভ করলেও কাশীপুরের উদ্যানে তার পূর্ণানুষ্ঠানের সময় ব্রতধারীদের সংখ্যা প্রায় চারগুণ বেড়ে গিয়েছিল।
[1] ‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ-সাধকভাব’–বিংশ অধ্যায় দ্রষ্টব্য।
গৃহী ভক্তদের সেবার ভার গ্রহণ ও মধ্যে মধ্যে ঠাকুরের ভিতরে অপূর্ব আধ্যাত্মিক প্রকাশ দেখা
ওষুধ, পথ্য ও দিনরাত সেবার বন্দোবস্ত ওইভাবে হওয়ার পরে ভক্তেরা নিশ্চিন্ত হয়েছিলেন, এ কথা বলা যায় না। কারণ, কলিকাতার প্রসিদ্ধ চিকিৎসকদের মতামত নিয়ে তাঁরা স্পষ্ট হৃদয়ঙ্গম করেছিলেন, ঠাকুরের কণ্ঠরোগ একেবারে চিকিৎসার অসাধ্য না হলেও নিঃসন্দেহে বিশেষ কষ্টসাধ্য, এবং তাঁর আরোগ্য দীর্ঘ সময়সাপেক্ষ। সুতরাং সেবা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার খরচ কীভাবে মেটানো হবে, এটাই তখন তাঁদের চিন্তার বিষয় হয়ে উঠেছিল। এরকম হওয়ারই কথা—কারণ বলরাম, সুরেন্দ্র, রামচন্দ্র, গিরিশচন্দ্র, মহেন্দ্রনাথ প্রভৃতি যাঁরা ঠাকুরকে কলিকাতায় এনে চিকিৎসাদির ভার নিয়েছিলেন, তাঁরা কেউই ধনী ছিলেন না। নিজের পরিবারের লোকজনের ভরণপোষণ করে সেবকদের সমেত ঠাকুরের ভার একা বহন করবেন, এমন সামর্থ্য তাঁদের কারও ছিল না। ঠাকুরের অসাধারণ অলৌকিকত্ব তাঁদের প্রাণে যে দিব্য আশা, আলো, আনন্দ ও শান্তির ধারা প্রবাহিত করেছিল, কেবলমাত্র তারই প্রেরণায় তাঁরা ভবিষ্যতের দিকে কিছুমাত্র দৃষ্টিপাত না করে সেই কাজে হাত দিয়েছিলেন। কিন্তু এই পূতধারা যে সর্বক্ষণ একটানা বইতে থাকবে এবং তার ভাটার সময়ে ভবিষ্যতের ভাবনা তাঁদের বিকল করবে না, এ কথা বলতে যাওয়া নিতান্ত অস্বাভাবিক। বস্তুত তা হয়ওনি। কিন্তু আশ্চর্যের বিষয়, তেমন সময় এলেই তাঁরা ঠাকুরের ভিতরে এমন সব নবীন আধ্যাত্মিক প্রকাশ দেখতে পেতেন যে, সেই দুর্ভাবনা কোথায় বিলীন হয়ে যেত এবং তাঁদের অন্তর আবার নতুন উৎসাহ ও বলে পূর্ণ হয়ে উঠত। তখন আনন্দের উদ্দাম উল্লাসে যেন বিচারবুদ্ধির অতীত ভূমিতে আরোহণ করে তাঁরা দিবালোকে দেখতে পেতেন যে, যাঁকে তাঁরা জীবনপথের পরম অবলম্বনরূপে গ্রহণ করেছেন, তিনি কেবলমাত্র অতিমানব নন, তিনি আধ্যাত্মিক জগতের আশ্রয়, জীবকুলের পরমগতি—দেবমানব নারায়ণ! তাঁর জন্ম, কর্ম, তপস্যা, আহার, বিহার—এমনকি দেহের অসুস্থতার কারণে যন্ত্রণাভোগ পর্যন্ত সবই বিশ্বমানবের কল্যাণের জন্য। নতুবা জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি-দুঃখ-দোষাদির অতীত সত্যসংকল্প পুরুষোত্তমের দেহের অসুস্থতা কোথায়? সেবাধিকার দিয়ে তাঁদের ধন্য ও কৃতকৃতার্থ করবেন বলেই তিনি এখন ব্যাধিগ্রস্তের মতো রয়েছেন! দক্ষিণেশ্বর পর্যন্ত গিয়ে তাঁকে দর্শন করার অবসর ও সুযোগ যাঁদের নেই, তাঁদের প্রাণে দিবালোকের উন্মেষ ঘটানোর জন্যই তিনি আপাতত তাঁদের কাছে এসে রয়েছেন! পাশ্চাত্য শিক্ষাসম্পন্ন যে জড়বাদী মানুষ বিজ্ঞানের ছায়ায় দাঁড়িয়ে নিজেকে নিরাপদ ও সর্বজ্ঞপ্রায় ভেবে ভোগবাসনার তৃপ্তিকেই জীবনের লক্ষ্য বলে ধরে নিয়েছে, ঈশ্বরসাক্ষাৎকারের দিব্য বিজ্ঞানের উচ্চতর আলোয় সেই বিজ্ঞানকে অকিঞ্চিৎকর বলে প্রতিপন্ন করে তার জীবনকে ত্যাগের পথে প্রবর্তিত করার জন্যই তিনি এখন এমন হয়ে রয়েছেন! —তবে কেন এই আশঙ্কা, অর্থাভাব হবে ভেবে কেনই বা দুর্ভাবনা? যিনি সেবাধিকার দিয়েছেন, সেই সেবা সম্পূর্ণ করার সামর্থ্য তিনিই তাঁদের দেবেন।
ঠাকুরের জন্য গৃহী ভক্তদের স্বার্থত্যাগের কথা
ভাবুকতার উচ্ছ্বাসে অতিরঞ্জিত করে আমরা উপরোক্ত কথাগুলি বলছি, পাঠক যেন তা মনে না করেন। ঠাকুরের সঙ্গগুণে ভক্তদের প্রতিদিন এমন অনুভব ও আলোচনা করতে প্রত্যক্ষ করেছি বলেই আমাদের এসব কথা লিপিবদ্ধ করতে হচ্ছে। দেখেছি, অর্থাভাবে ঠাকুরের সেবার ত্রুটি হবে, এই আশঙ্কায় তাঁরা পরামর্শ করতে এসে সেই ভাবের প্রেরণায় আশ্বস্ত ও নিশ্চিন্ত হয়ে ফিরে গিয়েছেন। কেউ বা বলেছেন, “ঠাকুর নিজের জোগাড় নিজেই করে নেবেন, যদি করেন তাতেই বা ক্ষতি কী? (নিজের বাড়ি দেখিয়ে) যতক্ষণ ইটের উপরে ইট রয়েছে ততক্ষণ ভাবনা কী? বাড়ি বন্ধক দিয়ে তাঁর সেবা চালাব।” কেউ বা বলেছেন, “ছেলেমেয়ের বিয়ে বা অসুখের সময় যেভাবে চালাই, সেভাবে চালাব, স্ত্রীর গায়ে দু-চারখানা অলংকার যতক্ষণ আছে ততক্ষণ ভাবনা কী?” আবার কেউ বা মুখে সেরকম কিছু প্রকাশ না করলেও নিজের সংসারের খরচ কমিয়ে অকাতরে ঠাকুরের সেবার ব্যয়ভার নিয়ে তার পরিচয় দিয়েছেন। এই ভাবের প্রেরণাতেই সুরেন্দ্রনাথ বাড়িভাড়ার সমস্ত খরচ একা বহন করেছিলেন এবং বলরাম, রাম, মহেন্দ্র, গিরিশচন্দ্র প্রভৃতি সকলে মিলে এই সময়ে ঠাকুরের ও তাঁর সেবকদের জন্য যা কিছু প্রয়োজন হয়েছিল, সে সমস্ত জুগিয়ে গিয়েছিলেন।
ভক্তসংঘ গঠন করাই ঠাকুরের ব্যাধির কারণ
ভক্তেরা এভাবে যে দিব্যোল্লাস প্রাণে অনুভব করতেন, তা এই সময়ে ঠাকুরকে অবলম্বন করে তাঁদেরকে পরস্পরের প্রতি আকৃষ্ট এবং সহানুভূতিসম্পন্ন করে তুলতে বিশেষ সাহায্য করেছিল। শ্রীরামকৃষ্ণ-ভক্তসংঘরূপ মহীরুহ দক্ষিণেশ্বরে অঙ্কুরিত হয়েছিল বলে ধরা হলেও শ্যামপুকুরে ও কাশীপুর-উদ্যানে তা নিজস্ব আকার ধারণ করে এত দ্রুত বেড়ে উঠেছিল যে, ভক্তদের অনেকে তখন স্থির করেছিলেন, এই সংঘগঠন সফল করে তোলাই ঠাকুরের শারীরিক ব্যাধির অন্যতম কারণ।
ঠাকুরের সম্বন্ধে ভক্তদের ধারণার শ্রেণিবিভাগ—যুগাবতার, গুরু, অতিমানব ও দেবমানব
যতই দিন যাচ্ছিল, ততই ঠাকুরের অসুস্থ হওয়ার কারণ এবং কতদিনে তাঁর আরোগ্য সম্ভবপর ইত্যাদি বিষয় নিয়ে নানা জল্পনা ও বিশ্বাস ভক্তদের মধ্যে দেখা দিয়ে তাঁদের যেন কয়েকটি শ্রেণিতে বিভক্ত করে ফেলেছিল। তাঁর অতীত জীবনের অদৃষ্টপূর্ব ঘটনাবলির আলোচনাই যে সেগুলির মূলে ছিল এবং ভক্তদের অদ্ভুত সব মীমাংসায় পৌঁছে দিয়েছিল, তা স্পষ্ট বোঝা যায়। একদল ভাবতেন—শুধু ভাবা কেন, সকলের কাছে প্রকাশও করতেন–যুগাবতার ঠাকুরের শারীরিক ব্যাধিটা মিথ্যা ভানমাত্র; এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তিনি তা জেনেবুঝে অবলম্বন করে রয়েছেন; যখনই ইচ্ছা হবে, আবার আগের মতো আমাদের কাছে প্রকাশিত হবেন। বিশাল কল্পনাশক্তি নিয়ে শ্রীযুক্ত গিরিশচন্দ্রই এই দলের নেতা হয়ে উঠেছিলেন। অন্য একদল বলতেন, যাঁর বিরাট ইচ্ছার সম্পূর্ণ অনুগত হয়ে থাকতে ও সর্বপ্রকার কর্মানুষ্ঠান করতে ঠাকুর অভ্যস্ত হয়েছেন, সেই জগদম্বাই নিজের কোনো এক জনকল্যাণকর গূঢ় অভিপ্রায় সিদ্ধ করতে তাঁকে কিছুকালের জন্য ব্যাধিগ্রস্ত করে রেখেছেন; এর সম্যক রহস্যভেদ ঠাকুর নিজেও করতে পেরেছেন কি না, বলা যায় না; জগদম্বার সেই উদ্দেশ্য সিদ্ধ হলেই ঠাকুর আবার সুস্থ হবেন। আর একদল প্রকাশ করতেন—জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এসব শরীরের ধর্ম, শরীর থাকলে সেগুলি নিশ্চয় দেখা দেবে, ঠাকুরের শারীরিক ব্যাধিও সেভাবেই দেখা দিয়েছে, অতএব তার একটা অলৌকিক গূঢ় কারণ আছে ভেবে এত জল্পনার প্রয়োজন কী? যত দিন না নিজেরা প্রত্যক্ষ করছি, তত দিন পর্যন্ত ঠাকুর সম্বন্ধীয় কোনো বিষয়ের মীমাংসা আমরা তর্কযুক্তি দিয়ে বিশেষভাবে বিশ্লেষণ না করে গ্রহণ করতে রাজি নই; আমরা তাঁকে আরোগ্য করার জন্য প্রাণপণে সেবা করব এবং তিনি মানবজীবনের যে উচ্চাদর্শ সামনে তুলে ধরেছেন, সেই ছাঁচে নিজ নিজ জীবন গঠন করতে যথাসাধ্য চেষ্টায় ও সাধন-ভজনে লেগে থাকব। বলা বাহুল্য, শ্রীযুত নরেন্দ্রনাথই ঠাকুরের যুবকশিষ্যবর্গের প্রতিনিধি হিসেবে শেষোক্ত মত প্রচার করতেন।
ভক্তদের পরস্পরের প্রতি শ্রদ্ধা
ঠাকুরের বিভিন্ন প্রকৃতির শিষ্যবর্গ তাঁর সম্বন্ধে এমন নানা ভাব ও মত পোষণ করলেও, তাঁর মহদুদার শিক্ষা অনুসারে জীবন অতিবাহিত করলে এবং সর্বান্তঃকরণে তাঁর সেবায় লেগে থেকে তাঁর প্রসন্নতা লাভ করতে পারলে তাঁদের পরম মঙ্গল হবে, এ কথায় পূর্ণ বিশ্বাস রাখত। সেজন্যই একদল তাঁকে যুগাবতার বলে, অন্যদল গুরু ও অতিমানব বলে এবং আর একদল দেবমানব বলে বিশ্বাস করলেও তাঁদের পরস্পরের প্রতি শ্রদ্ধার অভাব কোনোদিন দেখা দেয়নি।
ভক্তদের চোখে দেখা ঠাকুরের আধ্যাত্মিক প্রকাশের দৃষ্টান্ত
যা হোক, কী ধরনের আধ্যাত্মিক প্রকাশ ঠাকুরকে অবলম্বন করে তখন ভক্তদের প্রতিদিন প্রত্যক্ষগোচর হচ্ছিল, পাঠককে তা বোঝানোর জন্য আমাদের দেখা এমন কয়েকটি আধ্যাত্মিক প্রকাশের ঘটনার কথা এখানে বলব। ঠাকুরের ভক্তবৃন্দ ছাড়া আর যাঁরা সেই সময়ে তাঁকে দর্শন করতে এসেছিলেন, তাঁরাও ঘটনাগুলি প্রত্যক্ষ করেছিলেন।
ঠাকুরের প্রতি ডাক্তার সরকারের আকৃষ্ট হওয়া ও আচরণ এবং একদিনের কথোপকথন
আমরা ইতিপূর্বে বলেছি, ঠাকুরের চিকিৎসার ভার নিয়ে ডাক্তার মহেন্দ্রলাল সরকার পরম উৎসাহে তাঁকে আরোগ্য করার জন্য যত্ন করেছিলেন। সকালে, দুপুরে, বিকেলে ঠাকুরের শরীর কেমন থাকে, তা উপর্যুপরি কয়েক দিন এসে দেখে তিনি ওষুধপত্রের ব্যবস্থা ঠিক করেছিলেন এবং চিকিৎসকের কর্তব্য শেষ করার পরে সেই দিনগুলিতে ধর্মসম্বন্ধীয় নানারকম প্রসঙ্গে কিছু সময় ঠাকুরের সঙ্গে কাটিয়েছিলেন। ফলে ঠাকুরের উদার আধ্যাত্মিকতায় তিনি বিশেষভাবে আকৃষ্ট হয়ে এই সময় থেকে অবসর পেলেই তাঁর কাছে আসতে ও দু-চার ঘণ্টা কাটিয়ে যেতে লাগলেন। তাঁর মূল্যবান সময়ের এত বেশি ভাগ এখানে কাটানোর জন্য ঠাকুর একদিন তাঁকে কৃতজ্ঞতা জানাতে গেলে ডাক্তার ব্যস্ত হয়ে বলে উঠলেন, “ওহে, তুমি কি ভাব কেবল তোমারই জন্য আমি এখানে এতটা সময় কাটিয়ে যাই? এতে আমারও স্বার্থ রয়েছে। তোমার সঙ্গে আলাপে আমি বিশেষ আনন্দ পেয়ে থাকি। পূর্বে তোমাকে দেখলেও এমন ঘনিষ্ঠভাবে মিলিত হয়ে তোমাকে জানবার অবসর ত পাইনি—তখন এটা করব, ওটা করব, এই নিয়েই ব্যস্ত থাকা গিয়েছিল। কি জান, তোমার সত্যানুরাগের জন্যই তোমায় এত ভাল লাগে; তুমি যেটা সত্য বলে বোঝ তার একচুল এদিক ওদিক করে চলতে বলতে পার না; অন্যস্থলে দেখি তারা বলে এক, করে এক; ঐটে আমি আদৌ সহ্য করতে পারি না। মনে কোরো না, তোমার খোশামুদি করচি, এমন চাষা আমি নই; বাপের কুপুত্র!—বাপ অন্যায় করলে তাকেও স্পষ্ট কথা না বলে থাকতে পারি না; ঐজন্য আমার দুর্মুখ বলে নামটা খুব রটে গিয়েছে।”
সত্যানুরাগেই ডাক্তারের সকল প্রকার কাজ
ঠাকুর হাসতে হাসতে বললেন, “তা শুনেছি বটে; কিন্তু এই ত এতদিন এখানে আসচ, আমি ত তার কিছুরই পরিচয় পেলাম না।” ডাক্তার হেসে বললেন, “সেটা আমাদের উভয়ের সৌভাগ্য! নতুবা অন্যায় বলে কোন বিষয় ঠেকলে, দেখতে, মহেন্দ্র সরকার চুপ করে থাকবার বান্দা নয়। যা হক, সত্যের প্রতি অনুরাগ আমাদের নেই, একথা যেন ভেবো না। সত্য বলে যেটা বুঝেছি, সেইটা প্রতিষ্ঠা করতেই ত আজীবন ছুটাছুটি করেছি, ঐজন্যই হোমিওপ্যাথি চিকিৎসারম্ভ, ঐজন্যই বিজ্ঞানচর্চার মন্দিরনির্মাণ– ওইরকম আমার সকল কাজেই।”
অপরা বিদ্যার সাহায্যে পরাবিদ্যালাভ
যতদূর মনে হয়, আমাদের মধ্যে কেউ এই সময়ে ইঙ্গিত করেছিল, সত্যানুরাগ থাকলেও ডাক্তার বাবুর অপরা বিদ্যার শ্রেণিভুক্ত আপেক্ষিক (relative) সত্যাবিষ্কারের দিকেই অনুরাগ—ঠাকুরের কিন্তু পরাবিদ্যার প্রতিই চিরকাল ভালোবাসা।
ডাক্তার এ কথায় একটু উত্তেজিত হয়ে বললেন, “ঐ তোমাদের এক কথা; বিদ্যার আবার পরা, অপরা কি? যা হ’তে সত্যের প্রকাশ হয়, তার আবার উঁচু নীচু কি? আর যদিই একটা ঐরূপ মনগড়া ভাগ কর, তা হলে এটা ত স্বীকার করতেই হবে, অপরা বিদ্যার ভিতর দিয়েই পরাবিদ্যা লাভ করতে হবে—বিজ্ঞানের চর্চা দ্বারা আমরা যে সকল সত্য প্রত্যক্ষ করি, তা থেকেই জগতের আদি কারণের বা ঈশ্বরের কথা আরও বিশেষভাবে বুঝতে পারি। আমি নাস্তিক বৈজ্ঞানিক ব্যাটাদের ধরছি না। তাদের কথা বুঝতেই পারি না—চক্ষু থাকতেও তারা অন্ধ। তবে একথাও যদি কেউ বলেন যে, অনাদি অনন্ত ঈশ্বরের সবটা তিনি বুঝে ফেলেছেন, তা হলে তিনি মিথ্যাবাদী, জুয়াচোর—তার জন্য পাগলাগারদের ব্যবস্থা করা উচিত।”
ঈশ্বরের ‘ইতি’ করাটা হীন বুদ্ধি
ঠাকুর ডাক্তারের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে হাসতে হাসতে বললেন, “ঠিক বলেছ, ঈশ্বরের ‘ইতি’ যারা করে তারা হীনবুদ্ধি, তাদের কথা সহ্য করতে পারি না।”
মন বোঝে প্রাণ বোঝে না
এই বলে ঠাকুর আমাদের একজনকে ভক্তাগ্রণী শ্রীরাম প্রসাদের ‘কে জানে মন কালী কেমন, ষড়দর্শনে না পায় দরশন’[1] গানটি গাইতে বললেন এবং সেটি শুনতে শুনতে তার ভাবার্থ মৃদুস্বরে ডাক্তারকে মধ্যে মধ্যে বুঝিয়ে দিতে লাগলেন। ‘আমার প্রাণ বুঝেছে মন বোঝে না, ধরবে শশী হয়ে বামন’ গানের এই অংশটি গাওয়ার সময় ঠাকুর গায়ককে বাধা দিয়ে বললেন, “উঁ হুঁ, উল্টোপাল্টা হচ্ছে; ‘আমার মন বুঝেছে প্রাণ বোঝে না’—এইরূপ হবে; মন তাকে (ঈশ্বরকে) জানতে গিয়ে সহজেই বোঝে যে, অনাদি অনন্ত ঈশ্বরকে ধরা তার কর্ম নয়, প্রাণ কিন্তু ঐকথা বুঝতেই চায় না, সে কেবলি বলে—কি করে আমি তাকে পাব।”
ডাক্তার তা শুনে মুগ্ধ হয়ে বললেন, “ঠিক বলেছ, মন ব্যাটা ছোট লোক, একটুতেই পারব না, হবে না বলে বসে; কিন্তু প্রাণ ঐকথায় সায় দেয় না বলেই ত যত কিছু সত্যের আবিষ্কার হয়েছে ও হচ্ছে।”
ভাবাবিষ্ট যুবকের নাড়ি পরীক্ষা
গান শুনতে শুনতে দু-একজন যুবকভক্তের ভাবাবেশে বাহ্যচৈতন্য লোপ পেতে দেখে ডাক্তার তাদের কাছে গিয়ে নাড়ি পরীক্ষা করে বললেন, “মূর্ছিতের মতো বাহ্য বিষয়ের জ্ঞান নেই বলে বোধ হচ্ছে।” ঠাকুর বুকে হাত বুলিয়ে মৃদুস্বরে নাম শোনালে তারা আগের মতো প্রকৃতিস্থ হল; তা দেখে ডাক্তার তাঁকে উদ্দেশ করে আবার বললেন, “এ সব তোমারই খেলা, বোধ হচ্ছে।” ঠাকুর হাসতে হাসতে বললেন, “আমার নয় গো, এসব তারি (ঈশ্বরের) ইচ্ছায়। এদের মন এখনও স্ত্রী পুত্র, টাকা কড়ি, মান যশ ইত্যাদিতে ছড়িয়ে পড়েনি বলেই তাঁর নামগুণ শুনে তন্ময় হয়ে এমন হয়।”
বিদ্যার গরম
আগের প্রসঙ্গ আবার তুলে এবার ডাক্তারকে বলা হল, তিনি ঈশ্বরকে মানলেও এবং তাঁর ‘ইতি’ না করলেও, যাঁরা বিজ্ঞানচর্চায় রত রয়েছেন, তাঁদের মধ্যে একদল ঈশ্বরকে একেবারে উড়িয়ে দেন এবং আর একদল ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করলেও, তিনি এরকম ছাড়া অন্য কোনোরকম হতে বা করতে পারেন না, এই কথা উচ্চৈঃস্বরে প্রচার করেন। ডাক্তার বললেন, “হাঁ, ঐ কথা অনেকটা সত্য বটে; কিন্তু ওটা কি জান?—ওটা হচ্চে বিদ্যার গরম বা বদহজম—ঈশ্বরের সৃষ্টির দুই-চারিটা বিষয় বুঝতে পেরেছে বলে তারা মনে করে, দুনিয়ার সব ভেদটাই তারা মেরে দিয়েছে। যারা অধিক পড়েছে দেখেছে, ও দোষটা তাদের হয় না; আমি ত ঐ কথা কখনও মনে আনতে পারি না।”
পাণ্ডিত্যের অহংকার
ঠাকুর তাঁর কথা শুনে বললেন, “ঠিক বলেছ, বিদ্যালাভের সঙ্গে সঙ্গে আমি পণ্ডিত, আমি যা জেনেছি বুঝেছি তা-ই সত্য, অপরের কথা মিথ্যা—এইরূপ একটা অহংকার আসে। মানুষ নানা পাশে আবদ্ধ রয়েছে, বিদ্যাভিমান তারই ভিতরের একটা; এত লেখাপড়া শিখেও তোমার ঐরূপ অহংকার নেই, এটাই তার কৃপা।”
ডাক্তারের নিরভিমানতা
ডাক্তার এ কথায় উত্তেজিত হয়ে বললেন, “অহংকার হওয়া দূরে থাক্, মনে হয় যা জেনেছি বুঝেছি তা যৎসামান্য, কিছু নয় বললেই হয়—শিখবার এত বিষয় পড়ে রয়েছে, মনে হয়, শুধু মনে কেন, আমি দেখতে পাই—প্রত্যেক মানুষেই এমন অনেক বিষয় জানে, যা আমি জানি না; সেজন্য কারও কাছ থেকে কিছু শিখতে আমার অপমান বোধ হয় না। মনে হয়, এদের কাছেও (আমাকে দেখিয়ে) আমার শিখবার মত অনেক জিনিস থাকতে পারে, এ হিসাবে আমি সকলের পায়ের ধূলা নিতেও প্রস্তুত”।
ভিতরে মাল আছে
ঠাকুর শুনে বললেন, “আমিও এদের বলি, (আমাদের দেখিয়ে) ‘সখি, যতদিন বাঁচি ততদিন শিখি!’” পরে ডাক্তারকে দেখিয়ে আমাদের বললেন, “কেমন নিরভিমান দেখছিস? ভিতরে মাল (পদার্থ) আছে কিনা, তাই ঐরূপ বুদ্ধি।”
এরকম নানা কথাবার্তার পরে ডাক্তার সেদিন বিদায় নিলেন।
ডাক্তারকে ধর্মপথে এগিয়ে নিয়ে যেতে ঠাকুরের চেষ্টা
ডাক্তার মহেন্দ্রলাল এভাবে দিন দিন ঠাকুরের প্রতি যেমন শ্রদ্ধা ও প্রীতিসম্পন্ন হয়ে উঠছিলেন, ঠাকুরও তেমনি তাঁকে ধর্মপথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত্ন নিতে লাগলেন। তা ছাড়া গুণী ব্যক্তির সঙ্গে আলাপেই যে গুণীর সমধিক প্রীতি, তা জেনে ঠাকুর তাঁর শিষ্যবর্গের মধ্য থেকে মহেন্দ্রনাথ, গিরিশচন্দ্র, নরেন্দ্রনাথ প্রমুখ বাছা বাছা লোকদের সুবিদ্বান ডাক্তারের সঙ্গে আলাপ করতে মধ্যে মধ্যে পাঠাতেন। গিরিশচন্দ্রের সঙ্গে পরিচিত হওয়ার পরে ডাক্তার একদিন ‘বুদ্ধচরিতে’র অভিনয় দেখে শতমুখে তার প্রশংসা করেছিলেন এবং তাঁর লেখা অন্য কয়েকখানি নাটকের অভিনয়ও দেখতে গিয়েছিলেন। একইভাবে নরেন্দ্রনাথের সঙ্গে আলাপে মুগ্ধ হয়ে তিনি তাঁকে একদিন নিমন্ত্রণ করে খাইয়েছিলেন এবং গীতবিদ্যাতেও তাঁর অধিকার আছে জেনে একদিন ভজন শোনানোর জন্য অনুরোধ করেছিলেন। এর কয়েক দিন পরে ডাক্তার একদিন বিকেলে ঠাকুরকে দেখতে এলে নরেন্দ্রনাথ নিজের প্রতিশ্রুতি রেখে দু-তিন ঘণ্টা ধরে তাঁকে ভজন শোনালেন। ডাক্তার সেদিন ভজন শুনে এত আনন্দিত হলেন যে, বিদায়গ্রহণের আগে নরেন্দ্রকে পুত্রের মতো স্নেহে আশীর্বাদ, আলিঙ্গন ও চুম্বন করে ঠাকুরকে বললেন, “এর মতো ছেলে ধর্মলাভ করতে এসেছে দেখে আমি বিশেষ আনন্দিত; এ একটি রত্ন, যাতে হাত দেবে সেই বিষয়েরই উন্নতি করবে।” তা শুনে ঠাকুর নরেন্দ্রনাথের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন, “কথায় বলে অদ্বৈতের হুংকারেই গৌর নদীয়ায় এসেছিলেন, তেমনি ওঁর (নরেন্দ্রের) জন্যই তো সব গো!” তখন থেকে ঠাকুরকে দেখতে এসে নরেন্দ্রকে সেখানে উপস্থিত দেখলেই ডাক্তার তাঁর কাছ থেকে কয়েকটি ভজন না শুনে ছাড়তেন না।
ওষুধে ঠিকমতো ফল না পাওয়ায় ডাক্তারের চিন্তা ও আচরণের দৃষ্টান্ত
এভাবে ভাদ্র-আশ্বিনের কিছু অংশ কেটে গেল, ক্রমে দুর্গাপূজার সময় এসে পড়ল। সেই সময়ে ঠাকুরের অসুস্থতা কোনো কোনো দিন কিছু বেশি এবং অন্য সব দিন কম, এইভাবে চলছিল। ওষুধে ঠিকমতো ফল পাওয়া যাচ্ছিল না। ডাক্তার একদিন এসে রোগ বেড়েছে দেখে বলে বসলেন, “নিশ্চয় পথ্যের কোনো অনিয়ম হচ্ছে; আচ্ছা বলো দেখি, আজ কী কী খেয়েছ?”
সকালে ভাতের মণ্ড, ঝোল ও দুধ এবং সন্ধ্যায় দুধ ও যবের মণ্ডের মতো তরল খাদ্যই ঠাকুর খাচ্ছিলেন, তাই সে কথাই বললেন। ডাক্তার বললেন, “তবু নিশ্চয় কোনো নিয়মের ব্যতিক্রম হয়েছিল। আচ্ছা বলো তো, কোন কোন আনাজ দিয়ে ঝোল রাঁধা হয়েছিল?” ঠাকুর বললেন, “আলু, কাচকলা, বেগুন, দুই-এক টুকরা ফুলকপিও ছিল।”
ডাক্তার বললেন, “এ্যাঁ—ফুলকপি খেয়েছ? এ ত খাবার অত্যাচার হয়েছে, ফুলকপি বিষম গরম ও দুষ্পাচ্য। কয় টুকরা খেয়েছ?”
ঠাকুর বললেন, “এক টুকরাও খাইনি, তবে ঝোলে ওটা ছিল দেখেছি।”
ডাক্তার বললেন, “খাও আর নাই খাও, ঝোলে ওর সত্ত্ব তো ছিল—সেইজন্যই তোমার হজমের ব্যাঘাত হয়ে আজ ব্যারাম বেড়েছে।”
ঠাকুর বললেন, “সে কি গো! কপি খেলাম না, পেটের অসুখও হয়নি, ঝোলে কপির একটু রস ছিল বলে ব্যারাম বেড়েছে, এ কথা যে আদৌ মনে নেয় না।”
একটু অত্যাচার-অনিয়মে কতটা অপকার হয়, তার দৃষ্টান্ত
ডাক্তার বললেন, “অমন একটুতে যে কতটা অপকার করতে পারে, তা তোমাদের ধারণা নেই। আমার জীবনের একটা ঘটনা বলছি, শুনলে বুঝতে পারবে। আমার হজমশক্তিটা বরাবরই কম; মধ্যে মধ্যে অজীর্ণে খুব ভুগতে হত; সেজন্য খাবারের ব্যাপারে বিশেষ সতর্ক হয়ে সর্বদা নিয়ম মেনে চলি। দোকানের কোনো জিনিস খাই না; ঘি, তেল পর্যন্ত বাড়িতে করিয়ে নিই। তবুও এক সময়ে বিষম সর্দি হয়ে ব্রনকাইটিস হল, কিছুতেই সারতে চায় না। তখন মনে হল, নিশ্চয়ই খাবারে কোনো একটা দোষ হচ্ছে। খোঁজ করেও তাতে কোনোরকম দোষ ধরতে পারলাম না। তারপর হঠাৎ একদিন চোখে পড়ল—যে গোরুটার দুধ খাই, তাকে চাকরটা কতকগুলো মাষকড়াই খাওয়াচ্ছে। জিজ্ঞাসা করে জানলাম, কোনো এক জায়গা থেকে কয়েক মণ ওই কড়াই পাওয়া গিয়েছিল, সর্দির ভয়ে কেউ খেতে চায় না বলে কিছুদিন ধরে তা গোরুকে খেতে দেওয়া হচ্ছে। মিলিয়ে দেখলাম, যখন থেকে এরকম করা হয়েছে, প্রায় সেই সময় থেকে আমার সর্দি হয়েছে। তখন গোরুকে ওই কড়াই খাওয়ানো বন্ধ করলাম, সঙ্গে সঙ্গে আমার সর্দিও অল্পে অল্পে কমতে লাগল। সম্পূর্ণভাবে আরোগ্য হতে সেবার অনেক দিন লেগেছিল এবং বায়ু পরিবর্তন ইত্যাদিতে আমার চার-পাঁচ হাজার টাকা খরচ হয়ে গিয়েছিল।”
ঠাকুর শুনে হাসতে হাসতে বললেন, “ও বাবা, এ যে তেঁতুলতলা দিয়ে গিয়েছিল বলে সর্দি হল—সেইরকম!”
সকলে হাসতে লাগল। ডাক্তারের এমন অনুমান করাটা একটু বাড়াবাড়ি বলে বোধ হলেও, তাতে তাঁর দৃঢ় বিশ্বাস দেখে এ নিয়ে কেউ আর কোনো কথা তুলল না, এবং তাঁর নিষেধ মেনে নিয়ে তখন থেকে ঠাকুরের ঝোলে কপি দেওয়া বন্ধ করা হল।
ঠাকুরের প্রতি ডাক্তারের শ্রদ্ধার বৃদ্ধি ও ভক্তদের প্রতি ভালোবাসা
ঠাকুরের ভালোবাসা, সরল ব্যবহার এবং আধ্যাত্মিকতায় ডাক্তারের মন তাঁর প্রতি ক্রমে কতটা শ্রদ্ধায় ভরে উঠছিল, তা ডাক্তারের এক-এক দিনের কথায় ও কাজে বেশ বোঝা যেত। শুধু ঠাকুরকে কেন, তাঁর ভক্তদেরও তিনি তখন ভালোবাসার চোখে দেখছিলেন, এবং ঠাকুরকে নিয়ে তারা যে একটা মিথ্যা হুজুগ করতে বসেনি, এ বিষয়ে তাঁর বিশ্বাস জন্মেছিল। কিন্তু ঠাকুরকে তারা যেরকম প্রগাঢ় ভক্তি-বিশ্বাস করত, তিনি তা কীভাবে দেখতেন, তা বলা যায় না। বোধ হয় তাঁর কাছে এই ভক্তি-বিশ্বাস কিছু বাড়াবাড়ি বলে মনে হত। অথচ তারা যে তা কোনোরকম স্বার্থের জন্য অথবা ‘লোক-দেখান’র মতো করে না, তা বেশ বুঝতে পারতেন। সুতরাং তাঁর কাছে তা এক বিচিত্র রহস্যের মতো প্রতিভাত হত বলে বোধ হয়। ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশার মধ্যে তাঁর তীক্ষ্ণ বুদ্ধি এ বিষয়ের সমাধানে নিত্য নিযুক্ত থেকেও সেই প্রহেলিকা ভেদ করতে পারেনি। কারণ, ঈশ্বরে বিশ্বাসী হলেও মানুষের ভিতর তাঁর অসাধারণ শক্তিপ্রকাশ দেখে সেই মানুষকে গুরু ও অবতার বলে শ্রদ্ধা-পূজাদি করাটা তিনি পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বুঝতে পারতেন না, এবং বুঝতে পারতেন না বলে তার বিরোধী ছিলেন। বিরোধের কারণ, সংসারে যাঁরা অবতার বলে পূজা পাচ্ছেন, তাঁদের শিষ্য-পরম্পরা তাঁদের মহিমা প্রচার করতে গিয়ে বুদ্ধির দোষে কোনো কোনো বিষয় এমন অতিরঞ্জিত করে ফেলেছেন যে, তাঁরা স্বরূপত কেমন ছিলেন, তা ধরা-বোঝা লোকের পক্ষে এখন একরকম অসম্ভব হয়ে উঠেছে। এই প্রসঙ্গে ডাক্তার একদিন ঠাকুরের সামনে স্পষ্ট বলেওছিলেন, “ঈশ্বরকে ভক্তি-পূজাদি যা বল, তা বুঝতে পারি, কিন্তু সেই অনন্ত ভগবান মানুষ হয়ে এসেছেন—এই কথা বললেই যত গোল বাধে। তিনি যশোদানন্দন, মেরীনন্দন, শচীনন্দন হয়ে এসেছেন, এই কথা বোঝা কঠিন—ওই নন্দনের দলই দেশটাকে উচ্ছন্নে দিয়েছে।” ঠাকুর সে কথায় হেসে আমাদের বলেছিলেন, “এ বলে কী? তবে হীনবুদ্ধি গোঁড়ারা অনেক সময় তাঁকে বাড়াতে গিয়ে ওরকম করে ফেলে বটে।”
ডাক্তারের অবতার সম্বন্ধীয় মত ও তার প্রতিবাদ—৺দুর্গাপূজার সময়ে ঠাকুরের ভাবাবেশ দর্শনে ডাক্তারের বিস্ময়
অবতার সম্বন্ধীয় এই মত প্রকাশ করায় ডাক্তারের সঙ্গে গিরিশচন্দ্র ও নরেন্দ্রনাথের সময়ে সময়ে অনেক বাদানুবাদ হয়েছিল। ফলে, তার বিপরীতে অনেক যুক্তিগর্ভ কথা বলা যেতে পারে, এটা প্রতিপন্ন হওয়ায় তেমন একান্ত বিরোধী মত সহসা প্রকাশ করতে তিনি সতর্ক হয়েছিলেন। কিন্তু তর্কে যা হয়নি, ঠাকুরের মনের অলৌকিক মাধুর্য ও প্রেম এবং তাঁর ভিতর থেকে যে অদৃষ্টপূর্ব আধ্যাত্মিক প্রকাশ ডাক্তারের সময়ে সময়ে নয়নগোচর হচ্ছিল, তা দিয়েই সে কাজ সংসিদ্ধ হয়েছিল। তাঁর সেই মত ধীরে ধীরে অনেকটা পরিবর্তিত হয়েছিল। সেই বছর দুর্গাপূজার সন্ধিক্ষণে ঠাকুরের ভিতরে যে অলৌকিক বিভূতিপ্রকাশ সহসা দেখা দিতে আমরা সকলে প্রত্যক্ষ করেছিলাম, ডাক্তার সরকারও তা দেখার ও পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন। তিনি সেদিন আর এক ডাক্তার বন্ধুর সঙ্গে সেখানে উপস্থিত থেকে ভাবাবেশের সময় ঠাকুরের হৃদয়ের স্পন্দনাদি যন্ত্রের সাহায্যে পরীক্ষা করেছিলেন, এবং তাঁর ডাক্তার বন্ধু ঠাকুরের উন্মীলিত নয়ন সংকুচিত হয় কি না দেখার জন্য তার মধ্যে আঙুল দিতেও ছাড়েননি। ফলে হতবুদ্ধি হয়ে তাঁদের স্বীকার করতে হয়েছিল, বাইরে দেখতে সম্পূর্ণ মৃতের মতো প্রতীয়মান ঠাকুরের এই সমাধি-অবস্থা সম্বন্ধে বিজ্ঞান এখনও কোনো আলোকপাত করতে পারেনি; পাশ্চাত্য দার্শনিক একে জড়ত্ব বলে চিহ্নিত করে ও ঘৃণা প্রকাশ করে নিজের অজ্ঞতা ও ইহসর্বস্বতারই পরিচয় দিয়েছেন; ঈশ্বরের সংসারে এমন অনেক বিষয় বিদ্যমান, যেগুলির রহস্য দর্শন-বিজ্ঞান কিছুমাত্র ভেদ করতে পারেনি—কোনো কালে পারবে বলেও বোধ হয় না। বাইরে মৃতের মতো অবস্থায় থেকে ঠাকুর সেদিন সেই সময়ে যা দর্শন বা উপলব্ধি করেছিলেন, তা কতটা বর্ণে বর্ণে সত্য বলে ভক্তেরা মিলিয়ে পেয়েছিল, সে-সব কথা আমরা অন্যত্র উল্লেখ করেছি বলে তার পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন।
রোগবৃদ্ধি
আশ্বিন পেরিয়ে কার্তিক এল, শ্রীশ্রীকালীপূজার দিনও ক্রমে নিকটবর্তী হল, কিন্তু ঠাকুরের শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি দেখা গেল না। চিকিৎসার প্রথমে যে ফল পাওয়া গিয়েছিল, তা দিন দিন নষ্ট হওয়ায় ব্যাধি প্রবল আকার ধারণ করবে বলে আশঙ্কা হতে লাগল। ঠাকুরের মনের আনন্দ ও প্রসন্নতা কিছুমাত্র হ্রাস না পেয়ে বরং আরও বেড়েছে বলে ভক্তদের কাছে প্রতিভাত হল। ডাক্তার সরকার আগের মতো ঘন ঘন যাতায়াত করে ও বারবার ওষুধ বদলেও আশানুরূপ ফল না পেয়ে ভাবতে লাগলেন, ঋতু পরিবর্তনের জন্য এমন হচ্ছে, শীতটা একটু চেপে পড়লেই বোধ হয় এই ভাবটা কেটে যাবে।
৺কালীপূজার দিনে ঠাকুরের অদ্ভুত ভাবাবেশের বিবরণ
দুর্গাপূজার মতো কালীপূজার সময়েও ঠাকুরের ভিতরে অদ্ভুত আধ্যাত্মিক প্রকাশ ভক্তদের নয়নগোচর হয়েছিল। দেবেন্দ্রনাথ এক সময়ে প্রতিমা এনে কালীপূজা করার সংকল্প করেছিলেন। ঠাকুর ও তাঁর ভক্তদের সামনেই সেই সংকল্প কাজে পরিণত করতে পারলে পরম আনন্দ হবে ভেবে, তিনি শ্যামপুকুরের বাড়িতে ওই পূজা করার কথা পাড়লেন। কিন্তু পূজার উৎসাহ, উত্তেজনা ও গোলমালে ঠাকুরের শরীর আরও অবসন্ন হবে ভেবে ভক্তেরা দেবেন্দ্রনাথকে এ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিল। দেবেন্দ্র ভক্তদের কথা যুক্তিযুক্ত ভেবে সেই সংকল্প ত্যাগ করলেন। ঠাকুর কিন্তু পূজার আগের দিন কয়েকজন ভক্তকে সহসা বলে বসলেন, “পূজার উপকরণগুলি সংক্ষেপে সংগ্রহ করে রাখিস—কাল কালীপূজা করতে হবে।” তারা তাঁর এই কথায় আনন্দিত হয়ে অন্য সকলের সঙ্গে এ নিয়ে পরামর্শ করতে বসল। কিন্তু সেই কথাগুলি ছাড়া পূজার আয়োজন সম্বন্ধে আর কোনো কথা ঠাকুরের কাছ থেকে না পাওয়ায়, কীভাবে তা সম্পন্ন করতে হবে, তা নিয়ে তাদের মধ্যে নানা জল্পনা চলতে লাগল। পূজা ষোড়শোপচারে হবে, না পঞ্চোপচারে, তাতে অন্নভোগ দেওয়া হবে কি না, পূজক কে হবে, ইত্যাদি বিষয়ের কোনো মীমাংসা করতে না পেরে অবশেষে তারা স্থির করল, গন্ধ-পুষ্প, ধূপ-দীপ, ফলমূল এবং মিষ্টান্নমাত্র সংগ্রহ করে রাখা হোক, পরে ঠাকুর যেমন বলেন, সেইমতো করা যাবে। কিন্তু সেদিন এবং পূজার দিনের অর্ধেক কেটে গেলেও ঠাকুর সে সম্বন্ধে তাদের আর কোনো কথা বললেন না।
পূজার আয়োজন
ক্রমে সূর্যাস্ত হয়ে রাত্রি প্রায় ৭টা বেজে গেল। ঠাকুর তখনও পূজা সম্বন্ধে তাদের কিছুই না বলে অন্য দিনের মতো স্থিরভাবে বিছানায় বসে আছেন দেখে, তারা তাঁর কাছেই পুব দিকের খানিকটা জায়গা পরিষ্কার করে সংগৃহীত জিনিসগুলি এনে রাখতে লাগল। দক্ষিণেশ্বরে থাকার সময় গন্ধপুষ্পাদি পূজোপকরণ নিয়ে ঠাকুর কখনও কখনও নিজেকে নিজে পূজা করতেন। ভক্তদের কেউ কেউ তা দেখেছিল। তারা পরিশেষে এই মীমাংসায় উপনীত হয়েছিল যে, সেদিনও সেইভাবে তিনি নিজের দেহমনরূপ প্রতীক অবলম্বন করে জগচ্চৈতন্য ও জগচ্ছক্তি-রূপিণীর পূজা করবেন, অথবা ৺জগদম্বার সঙ্গে অভেদজ্ঞানে শাস্ত্রোক্ত আত্মপূজা সম্পন্ন করবেন। সুতরাং পূজোপকরণগুলি তারা যে তখন ঠাকুরের বিছানার পাশে ওইভাবে সাজিয়ে রাখবে, এটা বিচিত্র নয়। ঠাকুর তাদের এমন করতে দেখে কোনো অসম্মতি প্রকাশ করলেন না।
ঠাকুরের নীরবে অবস্থান
ক্রমে সব উপকরণ আনা হল, এবং ধূপ-দীপগুলি জ্বালানো হওয়ায় ঘর আলোকময় ও সৌরভে আমোদিত হয়ে উঠল। ঠাকুর তখনও স্থির হয়ে বসে আছেন দেখে ভক্তেরা এবার তাঁর কাছে বসল, এবং কেউ বা তাঁর আদেশের প্রতীক্ষায় একমনে তাঁকে দেখতে লাগল, কেউ বা জগজ্জননীর চিন্তা করতে লাগল। এভাবে ঘর একেবারে নীরব হয়ে গেল, এবং ত্রিশ বা ততোধিক লোক তার ভিতরে থাকলেও জনশূন্য বলে প্রতীয়মান হতে লাগল। কিছুক্ষণ এমনিভাবে কাটল, ঠাকুর কিন্তু তখনও নিজে পূজা শুরু করা, অথবা আমাদের কাউকে তা করতে আদেশ দেওয়া, কিছুই না করে আগের মতো নিশ্চিন্তভাবে বসে রইলেন।
গিরিশচন্দ্রের মীমাংসা ও ঠাকুরের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান—ঠাকুরের ভাবাবেশ
যুবক ভক্তদের সঙ্গে মহেন্দ্রনাথ, রামচন্দ্র, দেবেন্দ্রনাথ, গিরিশচন্দ্র প্রভৃতি প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন—তাঁদের মধ্যে গিরিশচন্দ্রের যে ‘পাঁচসিকে পাঁচ আনা বিশ্বাস’[2], ঠাকুর কখনও কখনও সে কথা বলতেন। পূজা সম্বন্ধে ঠাকুরকে এমন আচরণ করতে দেখে তাঁদের অনেকে এবার বিস্মিত হতে লাগলেন। ঠাকুরের প্রতি যাঁর অসীম বিশ্বাস, সেই গিরিশচন্দ্রের প্রাণে কিন্তু এতে অন্য ভাবের উদয় হল। তাঁর মনে হল, নিজের জন্য ঠাকুরের ৺কালীপূজা করার কোনো প্রয়োজন নেই। যদি বল, অহেতুকী ভক্তির প্রেরণায় তাঁর পূজা করার ইচ্ছা হয়েছে—তা হলে তা না করে এমন স্থির হয়ে বসে আছেন কেন? অতএব তা বোধ হচ্ছে না; তবে কি তাঁর শরীররূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করে ভক্তেরা ধন্য হবে বলে এই পূজার আয়োজন? –নিশ্চয় তা-ই। এই ভেবে তিনি উল্লাসে অধীর হলেন এবং সামনের পুষ্পচন্দন সহসা তুলে নিয়ে ‘জয় মা’ বলে ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি দিলেন। এতে ঠাকুরের সমস্ত শরীর শিহরে উঠল এবং তিনি গভীর সমাধিমগ্ন হলেন। তাঁর মুখমণ্ডল জ্যোতির্ময় এবং দিব্য হাস্যে বিকশিত হয়ে উঠল, এবং হস্তদ্বয় বরাভয়-মুদ্রা ধারণ করে তাঁর মধ্যে ৺জগদম্বার আবেশের পরিচয় দিতে লাগল! এত অল্পকালের মধ্যে এই সব ঘটনা ঘটল যে, পার্শ্ববর্তী ভক্তদের অনেকে ভাবল, ঠাকুরকে ওইভাবে ভাবাবিষ্ট হতে দেখেই গিরিশ তাঁর পদে বারবার অঞ্জলি দিচ্ছেন, এবং যারা একটু দূরে ছিল, তারা দেখল, যেন ঠাকুরের শরীরকে অবলম্বন করে জ্যোতির্ময়ী দেবীপ্রতিমা সহসা তাদের সামনে আবির্ভূত হয়েছেন!
ভাবাবিষ্ট ঠাকুরকে ভক্তদের পূজা
বলা বাহুল্য, ভক্তদের প্রাণে তখন উল্লাসের অবধি রইল না। তারা প্রত্যেকে কোনোমতে পুষ্পপাত্র থেকে ফুলচন্দন নিয়ে, যার যেমন ইচ্ছা মন্ত্র উচ্চারণ করে ঠাকুরের শ্রীপাদপদ্ম পূজা করল, এবং ‘জয় জয়’ রবে ঘর মুখরিত করে তুলল। কিছুক্ষণ এভাবে কেটে গেলে ভাবাবেশের উপশম হয়ে ঠাকুরের অর্ধবাহ্য অবস্থা দেখা দিল। তখন পূজার জন্য সংগৃহীত ফলমূল, মিষ্টান্ন প্রভৃতি জিনিসগুলি তাঁর সামনে এনে তাঁকে খেতে দেওয়া হল। তিনিও সেগুলির কিছু কিছু গ্রহণ করে ভক্তি ও জ্ঞানবৃদ্ধির জন্য ভক্তদের আশীর্বাদ করলেন। তারপর তাঁর প্রসাদ গ্রহণ করে তারা সকলে গভীর রাত্রি পর্যন্ত প্রাণের উল্লাসে ৺দেবীর মহিমা কীর্তন ও নামগুণ-গানে সময় কাটাল।
এভাবে ভক্তেরা সেই বছর অভিনব প্রণালীতে শ্রীশ্রীজগদম্বার পূজা করে যে অভূতপূর্ব উল্লাস অনুভব করেছিল, তা চিরকালের জন্য তাদের প্রাণে জাগরূক হয়ে রয়েছে, এবং যখনই দুঃখ-দুর্দিনে তারা অবসন্ন হয়ে পড়ে, তখনই ঠাকুরের সেই দিব্যহাস্যফুল্ল প্রসন্ন আনন ও বরাভয়যুক্ত করদ্বয় তাদের সামনে উদিত হয়ে, তাদের জীবন যে সর্বথা ‘দেবরক্ষিত’, এই কথা তাদের স্মরণ করিয়ে দেয়।
বিশেষ পর্ব ছাড়া অন্য সময়ে ঠাকুর সম্বন্ধে ভক্তদের প্রত্যক্ষের দৃষ্টান্ত
শ্যামপুকুরে থাকার সময় ভক্তেরা ঠাকুরের ভিতরে দিব্যশক্তি ও দেবভাবের পরিচয় যে কেবলমাত্র বিশেষ বিশেষ পর্বের সময়েই ওইভাবে পেয়েছিল তা নয়, যখন-তখন সহসা তাঁর মধ্যে তেমন ভাবের বিকাশ দেখার সুযোগও তারা পেয়েছিল, এবং এতে তিনি যে দেবমানব, তাদের এই বিশ্বাস দিন দিন দৃঢ় হয়ে উঠেছিল। এই ধরনের ঘটনা আগে উল্লিখিত ঘটনাগুলির মতো অনেক সময় সকলের সমক্ষে না ঘটলেও, ভক্তদের মধ্যে যারা সেগুলি প্রত্যক্ষ করেছিল, প্রথমে তাদের প্রাণে এবং পরে তাদের কাছে শুনে অন্য সকলের প্রাণে যে ওই একই ফল ফলিয়েছিল, সে বিষয়ে সন্দেহ নেই। দৃষ্টান্ত হিসেবে এখানে কয়েকটির কথা বললেই পাঠকের কাছে বিষয়টি বোধগম্য হবে—
ঠাকুরকে শ্রদ্ধাভক্তি করায় বলরামের আত্মীয়স্বজনের অপ্রসন্নতা
বলরাম সম্বন্ধে কোনো কোনো কথা আমরা অন্যত্র উল্লেখ করেছি। তিনি এবং তাঁর পরিবারের লোকজন ঠাকুরকে শ্রদ্ধা-ভক্তি করতেন বলে তাঁর আত্মীয়দের মধ্যে কেউ কেউ তাঁর প্রতি বিরূপ ছিলেন। তাঁদের এমন হওয়ার কারণও যথেষ্ট ছিল। প্রথমত, তাঁরা বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করেছিলেন বলে প্রচলিত শিক্ষা-দীক্ষা অনুসারে তাঁদের ধর্মমত যে কতকটা একদেশী এবং অতিমাত্রায় বাহ্যাচারনিষ্ঠ হবে, এটা বিচিত্র নয়। সুতরাং সকল প্রকার ধর্মমতের সত্যতায় যাঁর স্থির বিশ্বাস, বাহ্যচিহ্নমাত্র ধারণে যিনি পরাঙ্মুখ, সেই ঠাকুরের ভাব তাঁরা হৃদয়ঙ্গম করতে পারতেন না—তা করার প্রয়োজনীয়তাও অনুভব করতেন না। অতএব ঠাকুরের সঙ্গগুণে এবং কৃপায় বলরামের ভাব যে দিন দিন উদার হয়ে উঠছিল, তাঁরা তা ধর্মহীনতার পরিচায়ক বলে ধারণা করেছিলেন। দ্বিতীয়ত—ধন, মান, আভিজাত্য প্রভৃতি পার্থিব প্রাধান্য মানুষের অন্তরে প্রায় অভিমান-অহংকারই পরিপুষ্ট করে। পুণ্যকীর্তি ৺কৃষ্ণারাম বসু যে কুল উজ্জ্বল করেছিলেন, সেই কুলে জন্মগ্রহণ করে তাঁরাও নিজেদের সমধিক মহিমান্বিত বলে মনে করতেন। সেই বংশমর্যাদা বিস্মৃত হয়ে বলরাম সাধারণ মানুষের মতো দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রীপদপ্রান্তে ধর্মলাভের জন্য যখন-তখন উপস্থিত হচ্ছেন এবং নিজের স্ত্রী, কন্যা প্রভৃতিকেও সেখানে নিয়ে যেতে কুণ্ঠিত হচ্ছেন না, এ কথা জানতে পারলে তাঁদের অভিমান যে বিষম প্রতিহত হবে, তা বলা বাহুল্য। অতএব সেই কাজ থেকে তাঁকে নিবৃত্ত করতে এই সময়ে তাঁদের বিষম আগ্রহ জেগে উঠেছিল।
ঠাকুরের কাছে বলরামের গমন নিবারণে তাঁদের চেষ্টা
সৎ উপায় অবলম্বন করে কার্যসিদ্ধি না হলে অহংকারী মানুষকে অনেক সময় অসদুপায় গ্রহণ করতে দেখা যায়। বলরামের আত্মীয়স্বজনের মধ্যে কারও কারও প্রায় সেইরকম অবস্থা হয়েছিল। কালনার ভগবানদাস-প্রমুখ বৈষ্ণব বাবাজীদের নিষ্ঠা ও ভক্তিপ্রেমের আতিশয্য কীর্তন করে এবং নিজেদের বংশগৌরবের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েও যখন তাঁরা ঠাকুরের কাছে বলরামের যাওয়া বন্ধ করতে পারলেন না, তখন ঠাকুরের প্রতি বিদ্বেষভাবাপন্ন হয়ে তাঁরা কখনও কখনও তাঁর অযথা নিন্দাবাদ করতেও কুণ্ঠাবোধ করলেন না। অবশ্য, অন্যের কাছ থেকে শুনেই যে তাঁরা ঠাকুরকে নিষ্ঠাপরিশূন্য, সদাচারবিরহিত, খাদ্যাখাদ্য-বিচারবিহীন, কণ্ঠী-তিলকাদি বৈষ্ণব চিহ্ন ধারণের বিরোধী ইত্যাদি বলে ধারণা করেছিলেন, এ কথা বলতে হবে। যা হোক, তাতেও কোনো ফল হল না দেখে তাঁরা অবশেষে ঠাকুর ও বলরাম সম্বন্ধে নানা কথা বিকৃত করে বলরামের খুড়তুতো দুই ভাই ৺নিমাইচরণ ও ৺হরিবল্লভ বসুর কানে তুলতে লাগলেন।
বলরামের পূর্বজীবন
আমরা ইতিপূর্বে এক জায়গায় বলেছি, বলরামের ভিতরে দয়া ও ত্যাগবৈরাগ্যের ভাব বিশেষ প্রবল ছিল। জমিদারি প্রভৃতির তত্ত্বাবধানে অনেক সময় নির্মম হয়ে নানা হাঙ্গামা না করলে চলে না দেখে, তিনি নিজের বিষয়সম্পত্তির ভার নিমাই বাবুর উপর সমর্পণ করে তাঁর কাছ থেকে প্রতি মাসে আয় হিসেবে যা পেতেন, অনেক সময় তা পর্যাপ্ত না হলেও তাতেই কোনোমতে সংসারযাত্রা নির্বাহ করতেন। তাঁর শরীরও এসব কাজ করার উপযোগী ছিল না। যৌবনে অজীর্ণ রোগে শরীর এক সময় এতটা ভেঙে পড়েছিল যে, একাদিক্রমে বারো বছর ভাত ছেড়ে তাঁকে যবের মণ্ড ও দুধ খেয়ে কাটাতে হয়েছিল। ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি সেই সময়ের অনেকটাই পুরীধামে কাটিয়েছিলেন। শ্রীভগবানের নিত্য দর্শন, পূজা, জপ, ভাগবতাদি শাস্ত্র শ্রবণ এবং সাধুসঙ্গ প্রভৃতি কাজেই তাঁর তখন দিন কাটত, এবং এভাবে বৈষ্ণব সম্প্রদায়ের ভিতরে ভালো ও মন্দ যা কিছু ছিল, সে সবের সঙ্গে সুপরিচিত হওয়ার বিশেষ সুযোগ তিনি সেই সময়ে পেয়েছিলেন। পরে কাজের প্রয়োজনে কলিকাতায় আসার কিছুকাল পরেই ঠাকুরের দর্শন ও পূতসঙ্গে তাঁর জীবন কীভাবে দিন দিন পরিবর্তিত হয়, তার আভাস আমরা ইতিপূর্বে দিয়েছি।
বলরামের কলিকাতায় আগমন ও ঠাকুরকে দর্শন
বড় মেয়ের বিয়ে দেওয়ার সময় বলরামকে কয়েক সপ্তাহের জন্য কলিকাতায় আসতে হয়েছিল। তা ছাড়া ৺পুরীধামে কাটানো পূর্ণ এগারো বছরের ভিতর তাঁর জীবনে আর কোনোভাবে শান্তিভঙ্গ হয়নি। সেই ঘটনার কিছুকাল পরেই তাঁর ভাই হরিবল্লভ বসু রামকান্ত বসু স্ট্রীটের ৫৭ নং বাড়িটি কিনেছিলেন, এবং সাধুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধের ফলে পাছে বলরাম সংসার পরিত্যাগ করেন, এই ভয়ে তাঁর বাবা ও ভাইয়েরা গোপনে পরামর্শ করে তাঁকে ওই বাড়িতে বাস করতে অনুরোধ করেছিলেন। এভাবে সাধুদের পূতসঙ্গ ও শ্রীশ্রীজগন্নাথদেবের নিত্যদর্শন থেকে বঞ্চিত হয়ে বলরাম ক্ষুণ্ণমনে কলিকাতায় এসে বাস করতে লাগলেন। সেখানে কিছুদিন কাটিয়ে আবার কোনোমতে পুরীধামে চলে যাবেন, বোধ হয় আগে তাঁর এমন অভিপ্রায় ছিল, কিন্তু ঠাকুরের দর্শনলাভের পরে সেই সংকল্প একেবারে পরিত্যাগ করে তিনি ঠাকুরের কাছে কলিকাতায় স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করেছিলেন। সুতরাং পাছে হরিবল্লভ বাবু তাঁকে ওই বাড়ি খালি করে দিতে বলেন, অথবা নিমাই বাবু বিষয়সম্পত্তি তত্ত্বাবধান করার জন্য তাঁকে কোঠারে ডেকে পাঠিয়ে ঠাকুরের পুণ্যসঙ্গ থেকে বঞ্চিত করেন, এই ভয়ে তখন তাঁর অন্তর সময়ে সময়ে বিশেষ ব্যাকুল হত।
বলরামের ভাই হরিবল্লভের কলিকাতা আগমন
অন্তরের চিন্তা সময়ে সময়ে ভবিষ্যৎ ঘটনার সূচনা করে। বলরামেরও তখন এমনই হয়েছিল। তিনি যা ভয় করছিলেন, প্রায় তা-ই ঘটল। আত্মীয়স্বজনের গুপ্ত প্ররোচনায় তাঁর দুই ভাই-ই তাঁর প্রতি অসন্তুষ্ট হয়েছেন, এমন ইঙ্গিত করে চিঠি পাঠালেন, এবং হরিবল্লভ বাবু তাঁর সঙ্গে পরামর্শ করে বিশেষ প্রয়োজনীয় কোনো এক বিষয় স্থির করার উদ্দেশ্যে শীঘ্রই কলিকাতায় এসে তাঁর সঙ্গে কয়েক দিন একত্রে থাকবেন, এই সংবাদও অবিলম্বে তাঁর কাছে পৌঁছল। অন্যায় কিছুই করেননি বলে বলরামের অন্তরাত্মা এতে ক্ষুব্ধ না হলেও, ঘটনাচক্র পাছে তাঁকে ঠাকুরের কাছ থেকে দূরে নিয়ে যায়, এই ভয়ে অবসন্ন হল। অশেষ চিন্তার পর তিনি স্থির করলেন, ভাইয়েরা অন্যের কথা শুনে যদি তাঁকে দোষী বলে সাব্যস্ত করেন, তবুও তিনি ঠাকুরের অসুখের সময়ে তাঁকে ফেলে অন্য কোথাও যাবেন না। ইতিমধ্যে হরিবল্লভ বাবুও কলিকাতায় এসে পৌঁছলেন। তাঁর কাছে থাকার সময় ভাইকে যাতে কোনোরকম কষ্ট বা অসুবিধা ভোগ করতে না হয়, এমনভাবে সব বিষয়ের সুবন্দোবস্ত করে বলরাম নিজের সংকল্প দৃঢ় রেখে নিশ্চিন্ত মনে রইলেন, এবং ঠাকুরের কাছে প্রতিদিন যেভাবে যাতায়াত করতেন, প্রকাশ্যভাবে সেভাবেই করতে লাগলেন।
বলরামের প্রতি কৃপায় ঠাকুরের হরিবল্লভকে দেখার সংকল্প
মুখই মনের প্রকৃষ্ট দর্পণ। হরিবল্লভ বসু যেদিন কলিকাতায় এলেন, সেদিন বলরাম ঠাকুরের কাছে গেলে তিনি তাঁর মুখ দেখেই বুঝে নিলেন, তাঁর অন্তরে কী একটা সংগ্রাম চলছে। বলরামকে তিনি বিশেষভাবে আপন বলে মনে করতেন; তাঁর বেদনায় ব্যথিত হয়ে তাঁকে নিজের কাছে ডাকলেন, প্রশ্ন করে সব কথা জেনে নিলেন এবং বললেন, “সে লোক কেমন? তাকে (হরিবল্লভ বসুকে) একদিন এখানে আনতে পার?” বলরাম বললেন, “লোক খুব ভালো, মশায়! বিদ্বান, বুদ্ধিমান, সদাশয়, পরোপকারী, দান যথেষ্ট, ভক্তিমানও বটে—দোষের মধ্যে, বড়লোকের যা অনেক সময় হয়, একটু ‘কানপাতলা’—এ ক্ষেত্রে অন্যের কথাতেই কী একটা ঠাউরেছে। এখানে আসি বলেই আমার উপরে অসন্তোষ, তাই আমি বললে এখানে আসবে কি?” ঠাকুর বললেন, “তবে থাক, তোমার বলে কাজ নেই; একবার গিরিশকে ডাক দেখি।”
গিরিশচন্দ্র এসে সানন্দে সে কাজের ভার নিলেন এবং বললেন, “হরিবল্লভ ও আমি যৌবনের প্রারম্ভে কিছুকাল সহপাঠী ছিলাম, সেজন্য কলিকাতায় এসেছে শুনলেই আমি তার সঙ্গে দেখা করে আসি; অতএব এই কাজ আমার পক্ষে কিছুমাত্র কঠিন নয়, আজই আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব।”
গিরিশচন্দ্রের হরিবল্লভকে আনয়ন ও ঠাকুরের আচরণে তাঁর সম্পূর্ণ বিপরীত ভাবাপন্ন হওয়া
পরদিন বিকেলে প্রায় ৫টার সময় গিরিশচন্দ্র হরিবল্লভ বাবুকে সঙ্গে নিয়ে এলেন এবং ঠাকুরের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বললেন, “ইনি আমার বাল্যবন্ধু, কটকের সরকারি উকিল হরিবল্লভ বসু, আপনাকে দর্শন করতে এসেছেন।” ঠাকুর সে কথা শুনে তাঁকে পরম সমাদরে নিজের কাছে বসিয়ে বললেন, “তোমার কথা অনেকের কাছে শুনে তোমাকে দেখার ইচ্ছা হত, আবার মনে ভয়ও হত—যদি তোমার পাটোয়ারি বুদ্ধি হয়! (গিরিশকে উদ্দেশ করে) কিন্তু এখন দেখছি তা তো নয়, (হরিবল্লভ বসুকে দেখিয়ে) এ যে বালকের মতো সরল! (গিরিশকে) কেমন চোখ দেখেছ? ভক্তিপূর্ণ অন্তর না হলে অমন চোখ কখনও হয় না! (হরিবল্লভ বাবুকে সহসা স্পর্শ করে) হাঁ গো, ভয় করা দূরে থাকুক, তোমাকে যেন কত আত্মীয় বলে মনে হচ্ছে।” হরিবল্লভ বাবু প্রণাম করে পদধূলি নিয়ে বললেন, “সেটা আপনার কৃপা।”
গিরিশচন্দ্র এবার বললেন, “যে বংশে জন্মগ্রহণ করেছেন, তাতে ওঁর তো ভক্তিমান হওয়ারই কথা; ৺কৃষ্ণরাম বসুর ভক্তি তাঁকে প্রাতঃস্মরণীয় করে রেখেছে, তাঁর কীর্তিতে দেশ উজ্জ্বল হয়ে রয়েছে। তাঁর বংশে যাঁরা জন্মেছেন তাঁরা ভক্তিমান হবেন না তো হবে কারা।”
এভাবে ভগবদ্ভক্তির প্রসঙ্গ উঠল, এবং ঈশ্বরে বিশ্বাস, ভক্তি ও ঐকান্তিক নির্ভরতাই মানবজীবনের চরম সার্থকতা—এ বিষয়ে নানা কথা উপস্থিত সকলকে বলতে বলতে ঠাকুরের ভাবাবেশ হল। তারপর অর্ধবাহ্যদশা প্রাপ্ত হয়ে ঠাকুর আমাদের একজনকে একটি ভজন সংগীত গাইতে বললেন, এবং গানটির মর্ম হরিবল্লভ বাবুকে মৃদুস্বরে বুঝিয়ে বলতে বলতে পুনরায় গভীর ভাবাবিষ্ট হয়ে পড়লেন। সংগীত শেষ হলে দেখা গেল, দুই-তিনজন যুবক ভক্তেরও ভাবাবেশ হয়েছে, এবং ঠাকুরের ভাবোজ্জ্বল মূর্তি ও মর্মস্পর্শী বাণীতে একেবারে মুগ্ধ হওয়ায় হরিবল্লভ বাবুর দুই নয়নে প্রেমধারা বিগলিত হচ্ছে। সন্ধ্যা পার হওয়ার কিছুক্ষণ পরে হরিবল্লভ বাবু সেদিন ঠাকুরের কাছে বিদায় নিলেন।
আলাপের সময়ে ঠাকুরের অন্যকে স্পর্শ করার কারণ ও ফল
দক্ষিণেশ্বরে থাকাকালে আমরা অনেক সময় দেখতে পেতাম, আগন্তুক কোনো ব্যক্তি ঠাকুরের মতের বিরোধী হয়ে তাঁর সঙ্গে বাদানুবাদ আরম্ভ করলে, অথবা কোনো কারণে তাঁর প্রতি বিরুদ্ধভাবাপন্ন হয়ে কেউ এলে, ঠাকুর কথা বলতে বলতে কৌশলে তাদের স্পর্শ করতেন, এবং তা করার পরমুহূর্ত থেকে তারা তাঁর কথা মেনে নিতে শুরু করত। অবশ্য যাদের দেখে তাঁর মন প্রসন্ন হত, তাদের সঙ্গেই তিনি এমন ব্যবহার করতেন। স্বতঃপ্রবৃত্ত হয়ে তিনি একদিন আমাদের কাছে এর কারণ এভাবে বলেছিলেন। “অহংকারের বশবর্তী হয়ে, অথবা আমি কারও চেয়ে কোনো অংশে ন্যূন নই, এমন ভাব নিয়েই লোকে কারও কথা সহজে মেনে নিতে চায় না। (নিজের শরীর দেখিয়ে) এর ভিতরে যে রয়েছে, তাকে স্পর্শ করামাত্র তার দিব্যশক্তিপ্রভাবে তাদের ওই ভাব আর মাথা উঁচু করতে পারে না। সাপ যেমন ফণা ধরার সময় ওষধিস্পৃষ্ট হয়ে মাথা নিচু করে, তাদের অন্তরের অহংকারের অবস্থাও তখন ঠিক তেমনই হয়। সেজন্যই কথা বলতে বলতে কৌশলে তাদের অঙ্গ স্পর্শ করি।”
সেদিন হরিবল্লভ বাবুকে ঠাকুরের কাছ থেকে সম্পূর্ণ বিপরীত ভাব নিয়ে সশ্রদ্ধ হৃদয়ে চলে যেতে দেখে ঠাকুরের সেই কথা আমাদের মনে পড়েছিল। বলা বাহুল্য, বলরাম ঠাকুরের কাছে যাতায়াত করে অন্যায় করছেন, এমন ভাব তাঁর ভাইদের হৃদয়ে তখন থেকে আর কখনও দেখা দেয়নি।
ভক্ত-সংখ্যার বৃদ্ধি; সাধনপথ নির্দেশ—সাকার ও নিরাকার চিন্তার উপযোগী আসন
শ্যামপুকুরে থাকার সময় ঠাকুরের শারীরিক ব্যাধি যেমন বৃদ্ধি পেয়েছিল, তাঁর পুণ্যদর্শন ও কৃপালাভের জন্য সমাগত লোকের সংখ্যাও তেমনি দিন দিন বেড়ে চলেছিল। শ্রীযুক্ত হরিশচন্দ্র মুস্তফি প্রমুখ অনেক গৃহস্থভক্তের মতো, শ্রীরামকৃষ্ণ-ভক্তসংঘে যিনি পরে স্বামী ত্রিগুণাতীত নামে সুপরিচিত হয়েছিলেন—সেই শ্রীযুক্ত সারদাপ্রসন্ন মিত্র[3], মণীন্দ্রকৃষ্ণ গুপ্ত[4] প্রভৃতি অনেক যুবক ভক্তও এখানে ঠাকুরের প্রথম দর্শন লাভ করেছিলেন। অনেকে আবার আগে দুই-এক বার দক্ষিণেশ্বরে যাতায়াত করলেও এখানেই ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেয়েছিলেন। নবাগত এই সব ব্যক্তির প্রকৃতি ও সংস্কার লক্ষ করে ঠাকুর এঁদের প্রত্যেককে ভক্তিপ্রধান অথবা জ্ঞানমিশ্রা-ভক্তিপ্রধান সাধনমার্গ নির্দেশ করে দিতেন, এবং সুযোগ পেলেই নিভৃতে নানারকম উপদেশ দিয়ে সেই পথে এগিয়ে নিয়ে যেতেন। আমাদের জানা আছে, একজন যুবককে ঠাকুর একদিন এভাবে সাকার ও নিরাকার ধ্যানের উপযোগী নানাপ্রকার আসন ও অঙ্গসংস্থান দেখাচ্ছিলেন। পদ্মাসনে বসে বাম করতলের উপরে দক্ষিণ করপৃষ্ঠ রেখে, সেইভাবে দুই হাত বুকে ধরে ও চোখ মুদে বললেন, এটিই সকল প্রকার সাকার-ধ্যানের প্রশস্ত আসন। পরে সেই আসনেই বসে থেকে বাম ও দক্ষিণ হাত বাম ও দক্ষিণ জানুর উপরে রেখে, প্রত্যেক হাতের অঙ্গুষ্ঠ ও তর্জনীর অগ্রভাগ সংযুক্ত ও অন্য সব অঙ্গুলি ঋজু রেখে, এবং ভ্রূমধ্যে দৃষ্টি স্থির করে বললেন, এটিই নিরাকার ধ্যানের প্রশস্ত আসন। এ কথা বলতে না বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন, এবং কিছুক্ষণ পরে জোর করে মনকে সাধারণ জ্ঞানভূমিতে নামিয়ে বললেন, “আর দেখানো হল না; ওভাবে বসলেই উদ্দীপনা হয়ে মন তন্ময় ও সমাধিলীন হয়, এবং বায়ু ঊর্ধ্বগামী হওয়ায় গলার ক্ষতস্থানে আঘাত লাগে; সেজন্য ডাক্তার বিশেষ করে বলে গেছে, সমাধি যেন না হয়।” যুবকটি তা শুনে কাতর হয়ে বলল, “আপনি কেন ওসব দেখাতে গেলেন, আমি তো দেখতে চাইনি।” তিনি উত্তরে বললেন, “তা তো বটে, কিন্তু তোদের একটু-আধটু না বলে, না দেখিয়ে থাকতে পারি কই?” যুবকটি সে কথায় বিস্মিত হয়ে ঠাকুরের অপার করুণা এবং তাঁর মনের অলৌকিক সমাধিপ্রবণতার কথা ভেবে স্তব্ধ হয়ে রইল।
ঠাকুরের প্রতিটি কাজের মাধুর্য ও অসাধারণত্ব দেখে অনেকের আকৃষ্ট হওয়া
দৃষ্টান্ত—উপেন্দ্র মুনসেফ
ঠাকুরের দৈনন্দিন আচরণের মধ্যেও এমন মাধুর্য ও অসাধারণত্বের পরিচয় পাওয়া যেত যে, নবাগত অনেক লোক তা দেখেই মুগ্ধ হয়ে পড়ত। দৃষ্টান্তস্বরূপ নিচে একটি ঘটনার কথা বলছি। ঘটনাটি আমরা মহাকবি গিরিশচন্দ্রের বন্ধুবৎসল কনিষ্ঠ সহোদর পরলোকগত অতুলচন্দ্র ঘোষ মহাশয়ের কাছে শুনেছিলাম। যথাসম্ভব তাঁরই ভাষায় আমরা তা লিপিবদ্ধ করার চেষ্টা করব—“উপেন্দ্র[5] আমার বিশেষ বন্ধু ছিল, বিদেশে ডেপুটিগিরি চাকরি করত। ঠাকুরের সঙ্গে পরিচিত হওয়ার পরে তাকে চিঠিতে লিখেছিলাম, ‘এবার যখন আসবে তখন তোমাকে এক অদ্ভুত জিনিস দেখাব’। বড়দিনের ছুটিতে এসে সে সেই কথা মনে করিয়ে দিল। আমি বললাম, ‘মনে করেছিলাম তোমায় রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখাব—কিন্তু এখন তাঁর অসুখ, শ্যামপুকুরে আছেন, কথা কইতে ডাক্তারের বারণ—তুমি নতুন লোক, তোমায় এখন কেমন করে নিয়ে যাই?’ সে দিন গেল। তারপর উপেন্দ্র আর একদিন মেজদাদার (গিরিশচন্দ্রের) সঙ্গে দেখা করতে এসেছে, ঠাকুরের কথা উঠল, এবং মেজদাদা তাকে বললেন, ‘যা না একদিন অতুলের সঙ্গে, তাঁকে দেখতে’। উপেন বলল, ‘উনি তো ছয় মাস (পূর্ব) থেকে বলছিলেন নিয়ে যাব, কিন্তু যখন এখানে এসে সেই কথা বললাম, তখন বললেন—এখন হবে না’। আমি শুনে মেজদাদাকে বললাম, ‘আমরাই এখন সব সময়ে ঢুকতে পাই না, নতুন লোককে কেমন করে নিয়ে যাই।’ মেজদাদা বললেন, ‘তা হোক, তবু একদিন নিয়ে যা, তারপরে ওর অদৃষ্টে থাকে তিনি ওকে দর্শন দেবেন, আদর করবেন’।
উপেন্দ্রের শ্যামপুকুরে আগমন ও ঠাকুরের সপ্রেম ব্যবহারে উপলব্ধি
“তারপর একদিন বিকেলে উপেনকে নিয়ে গেলাম। সেদিন ঠাকুরের ঘরে তাঁর বিছানার কাছ থেকে দুটি সপ বিছিয়ে একঘর লোক বসে আছে, আর নানারকম আজে-বাজে কথা হচ্ছে—যেমন, ছবি আঁকার কথা (কারণ চিত্রবিদ্যাকুশল অনুদা বাগচী সেদিন সেখানে ছিল), সেকরার দোকানে সোনারূপা গলানোর কথা[6] ইত্যাদি। অনেকক্ষণ বসে রইলাম, (ওইরকম কথা ছাড়া) একটিও ভালো কথা হল না! ভাবতে লাগলাম, আজ এই নতুন লোকটিকে নিয়ে এলাম আর আজই যত আজেবাজে কথা! ও (উপেন) ঠাকুরের সম্বন্ধে কেমন ভাব নিয়ে যাবে! –এই ভেবে আমার মুখ শুকিয়ে যেতে লাগল, এবং মধ্যে মধ্যে উপেনের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে দেখতে লাগলাম। কিন্তু যতবার দেখলাম, দেখলাম তার মুখ বেশ প্রসন্ন—যেন ওই সব কথায় সে বেশ আনন্দ পাচ্ছে। তখন ইশারা করে তাকে উঠতে বললাম, সে উত্তরে ইশারায় আর একটু বসতে বলল। এভাবে দুই-তিন বার ইশারা করার পরে সে উঠে এল। তখন তাকে বললাম, ‘কি শুনছিলি এতক্ষণ? ওসব কথায় শোনবার কি আছে বল দেখি? সাধে তোকে “বাঙাল” বলি!’ তার কপালে একটি উলকির টিপ ছিল বলে তাকে আমরা ওই নামে ডাকতাম। সে বলল, ‘না হে, বেশ শুনছিলাম। পূর্বে universal love (সকলের প্রতি সমান ভালবাসা) কথাটা শুনেছি, কিন্তু কারও মধ্যে তার প্রকাশ দেখিনি। সকল বিষয় নিয়ে সকলের সঙ্গে ওঁকে (ঠাকুরকে) আনন্দ করতে দেখে আজ তা প্রত্যক্ষ করলাম। কিন্তু আর একদিন আসতে হবে—আমার তিনটি প্রশ্ন আছে, জিজ্ঞাসা করব’।
“তারপর একদিন সকালে উপেনকে নিয়ে গেলাম। তখন ঠাকুরের কাছে বড় একটা কেউ নেই—কেবল সেবকদের দুই-এক জন ও আমার ভগ্নীপতি ‘মল্লিক মহাশয়’ ছিলেন। যাওয়ার আগে উপেনকে পই-পই করে বলে দিয়েছিলাম, ‘যা জিজ্ঞাসা করবার নিজে করবি, তা হলে মনের মতো উত্তর পাবি; কাউকে দিয়ে প্রশ্নগুলি জিজ্ঞাসা করাবি না’। কিন্তু সে মুখচোরা ছিল, যা বারণ করেছিলাম, এখানে এসে তা-ই করে বসল—মল্লিক মহাশয়কে দিয়ে প্রশ্ন করাল। ঠাকুর উত্তর দিলেন, কিন্তু উপেনের মুখের ভাবে বুঝলাম, উত্তরটি তার মনের মতো হল না। তখন আমি তাকে আবার চুপি-চুপি বললাম, ‘ওরকম ত হবেই, আমি যে তোকে বার বার বলে এলাম, যা জিজ্ঞাসা করবার আপনি করবি; নিজে জিজ্ঞাসা কর না, মোক্তার ধরেছিস কেন?’
ঈশ্বর সাকার নিরাকার দুই-ই—যেমন জল আর বরফ
“সাহস করে সে এবার নিজেই জিজ্ঞাসা করল, ‘মহাশয়, ঈশ্বর সাকার না নিরাকার? আর যদি দুই-ই হন, তা হলে একসঙ্গে এমন সম্পূর্ণ বিপরীত ভাবের দুই কেমন করে হতে পারেন?’ ঠাকুর শুনেই বললেন, ‘তিনি (ঈশ্বর) সাকার নিরাকার দুই-ই—যেমন জল, আর বরফ’। উপেন কলেজে বিজ্ঞান (Science course) নিয়েছিল, সেজন্য ঠাকুরের ওই দৃষ্টান্ত তার মনের মতো হল, এবং দৃষ্টান্তটির সাহায্যে সে নিজের প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে আনন্দিত হল। সেই প্রশ্নটি করেই কিন্তু সে থেমে গেল, এবং কিছুক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করে বিদায় নিল। বাইরে এসে তাকে জিজ্ঞাসা করলাম, ‘উপেন, তুমি তিনটি প্রশ্নের কথা বলেছিলে, একটি মাত্র জিজ্ঞাসা করেই উঠে এলে কেন?’ সে উত্তরে বলল, ‘তা বুঝি বোঝোনি—ওই এক উত্তরে আমার তিনটি প্রশ্নেরই মীমাংসা হয়ে গেছে’।
রামদাদার কথায় অতুলের বিরক্তি
“তোমার মনে আছে বোধ হয়, রামদাদা[7] এই সময়ে প্রায়ই বাড়িতে সকাল সকাল খাওয়াদাওয়া করে আফিসের কাপড়চোপড় সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে আসতেন, এবং দুই-এক ঘণ্টা এখানে কাটিয়ে পোশাক বদলে কর্মস্থলে চলে যেতেন। ঠাকুর যখন সেদিন উপেনের প্রশ্নের উত্তর দিচ্ছেন, তখন রামদাদা আফিসে যাওয়ার পোশাক পরতে পরতে সেই ঘরে সহসা এসে ঠাকুরের কথাগুলি শুনেছিলেন। আমরা যেই বাইরে এসেছি, অমনি রামদাদা বলে উঠলেন, ‘অতুলদাদা, ওঁকে (উপেনকে) এদিকে নিয়ে এস; ঠাকুর ওঁর প্রশ্নের উত্তরে বড় শক্ত কথা বলেছেন, উনি বুঝতে পারবেন না। আমার এই বইখানা[8] ওঁকে পড়তে হবে, তবে উনি ঠাকুরের ওই কথা বুঝতে পারবেন’। সে কথা শুনে আমার ভারি রাগ হল, বলে ফেললাম, ‘রামদাদা, তুমি না আমাদের চেয়ে সাত বৎসর আগে ঠাকুরকে দেখেছ ও তাঁর কাছে যাওয়া আসা করছ? উনি (ঠাকুর) যা বললেন তা বুঝতে পারবে না, আর তোমার বই পড়ে উনি যা বোঝাতে পারলেন না তা বুঝতে পারবে! এটা তোমার কেমনতর কথা? তবে উপেনকে তোমার বইখানা পড়তে দেবে দাও—সেটা আলাদা কথা’। রামদাদা সে কথায় একটু অপ্রস্তুত হয়ে বইখানি উপেনকে দিলেন।”
[1] কে জানে মন কালী কেমন।
ষড়দর্শনে না পায় দরশন।।
কালী পদ্মবনে হংস সনে, হংসীরূপে করে রমণ।
তাকে মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন।।
আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রয়োগ লক্ষ এমন।
তারা ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন।।
মায়ের উদর ব্রহ্মান্ডভান্ড, প্রকান্ড তা মান কেমন।
মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন।।
প্রসাদ ভাবে লোকে হাসে, সন্তরণে সিন্ধুগমন।
আমার মন বুঝেছে প্রাণ বোঝে না ধরবে শশী হয়ে বামন।।
(গায়ক ভুল করে ‘প্রাণ বুঝেছে মন বুঝে না’ গেয়েছিল)
[2] অর্থাৎ—ষোলো আনার উপর চার-পাঁচ আনা বেশি বিশ্বাস।
[3] সারদাপ্রসন্ন ১৮৮৪ খৃঃ-এর ডিসেম্বরের মধ্যে এসেছিলেন—‘কথামৃত’ ২য় ভাগ, ২১৫ পৃঃ এবং ১ম ভাগ, ৬ পৃঃ দ্রষ্টব্য। –প্রঃ
[4] শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে মণীন্দ্রকৃষ্ণ গুপ্ত মহাশয়ের প্রথম পরিচয় হয় এখানে। এর ২/৩ বছর আগে দক্ষিণেশ্বরে কয়েকবার দর্শন করেছিলেন মাত্র–তাঁর লিখিত ‘শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণদেবের পুণ্যস্মৃতি’, ‘উদ্বোধন’, ৩৯শ বর্ষ, ভাদ্র-সংখ্যা দ্রষ্টব্য। –প্রঃ
[5] শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ, ইনি শ্যামবাজারের সুপ্রসিদ্ধ শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ বসু মহাশয়ের কোনো এক আত্মীয়কে বিবাহ করেন এবং মুন্সেফ ছিলেন।
[6] সেকরাদের সোনারূপা চুরি করার দক্ষতা সম্বন্ধে ঠাকুর সময়ে সময়ে আমাদের একটি মজার গল্প বলতেন। অতুল বাবু এখানে এই গল্পটির ইঙ্গিত করেছেন। গল্পটি এই–কয়েকজন বন্ধুর সঙ্গে একজন লোক একখানি গহনা বিক্রির জন্য এক স্বর্ণকারের দোকানে গিয়ে দেখল, সর্বাঙ্গে তিলকাঙ্কিত, শিখামাল্যধারী বৃদ্ধ স্বর্ণকার সামনে বসে গম্ভীরভাবে হরিনাম করছে, এবং তার তিন-চার জন সহকারী তেমনই তিলক-মালা পরে ঘরের ভিতরে নানাবিধ অলংকার গড়ার কাজে লেগে আছে। বৃদ্ধ স্বর্ণকার ও তার সহকারীদের সাত্ত্বিক বেশভূষা দেখে লোকটি ও তার বন্ধুরা ভাবল—এরা ধার্মিক, আমাদের ঠকাবে না। পরে যে অলংকারখানি তারা বিক্রি করতে এসেছিল, বৃদ্ধের সামনে সেটি রেখে তার প্রকৃত মূল্য ঠিক করে দিতে অনুরোধ করল। বৃদ্ধও তাদের সাদরে বসিয়ে একজন সহকারীকে তামাক দিতে বলল, এবং কষ্টিপাথরে কষে অলংকারের সোনার দাম জানাল; পরে তাদের অনুমতি নিয়ে সেটি গলানোর জন্য ঘরের ভিতরের এক সহকারীর হাতে দিল। সেও তৎক্ষণাৎ সেটি গলাতে আরম্ভ করল, এবং সহসা দেবতাকে স্মরণ করে বলে উঠল, ‘কেশব, কেশব’। ঈশ্বরীয় ভাবের উদ্দীপনায় বৃদ্ধও সঙ্গে সঙ্গে বলে উঠল, ‘গোপাল, গোপাল’। ঘরের ভিতরের এক সহকারী তারপরেই বলে উঠল, ‘হরি, হরি, হরি’। যে তামাক এনেছিল, সে ইতিমধ্যে কলকেটি আগন্তুকদের হাতে দিয়ে ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে বলে উঠল, ‘হর, হর, হর’। এ কথা বলামাত্র প্রথম সহকারীটি খানিকটা গলানো সোনা সামনের জলভরা পাত্রে দক্ষতার সঙ্গে ফেলে দিয়ে আত্মসাৎ করল। স্বর্ণকার ও তার সহকারীরা শ্রীভগবানের এই নামগুলি যে অন্য অর্থে ব্যবহার করছে—অর্থাৎ ‘কেশব’ না বলে ‘কে সব’, এরা চতুর না নির্বোধ, এই কথা জিজ্ঞাসা করছে, এবং সেই প্রশ্নের উত্তরেই ‘গোপাল’ অথবা গরুর পালের মতো নির্বোধ, এই কথা বলছে, এবং ‘হরি’ ও ‘হর’ শব্দ দুটি ‘অপহরণ করি’ ও ‘কর’ এই অর্থে উচ্চারণ করছে—এ কথা বুঝতে না পেরে আগন্তুকেরা এদের ভক্তি ও ধর্মনিষ্ঠায় প্রীত হয়ে নিশ্চিন্ত মনে তামাক খেতে লাগল। তারপর গলানো সোনা ওজন করিয়ে তার দাম নিয়ে তারা প্রসন্নমনে বাড়ি ফিরে গেল।
ঠাকুরের পরম ভক্ত অধরচন্দ্র সেনের ভবনে বঙ্গের সুপ্রসিদ্ধ ঔপন্যাসিক শ্রীযুত বঙ্কিমচন্দ্রের সঙ্গে যেদিন তাঁর সাক্ষাৎ হয়েছিল, সেদিন বঙ্কিম বাবু সন্দেহবাদীর পক্ষ অবলম্বন করে ঠাকুরকে ধর্মবিষয়ক নানা কূট প্রশ্ন করেছিলেন। ঠাকুর সেগুলির যথাযথ উত্তর দেওয়ার পরে বঙ্কিমচন্দ্রকে পরিহাস করে বলেছিলেন, “তুমি নামেও বঙ্কিম, কাজেও বঙ্কিম।” প্রশ্নগুলির হৃদয়স্পর্শী উত্তর পেয়ে প্রীত হয়ে বঙ্কিম বাবু বলেছিলেন, “মহাশয়, আপনাকে একদিন আমাদের কাঁঠালপাড়ার বাড়িতে যেতে হবে, সেখানে ঠাকুরসেবার বন্দোবস্ত আছে, এবং আমরা সকলেও হরিনাম করি।” ঠাকুর তা শুনে রসিকতা করে বলেছিলেন, “কেমনতর হরিনাম গো, সেকরাদের মত নয় ত?” —বলেই সেই গল্পটি বঙ্কিমচন্দ্রকে শুনিয়েছিলেন, এবং সভায় হাসির রোল উঠেছিল।
[7] শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত
[8] শ্রীরামচন্দ্র দত্ত-প্রণীত ‘তত্ত্বপ্রকাশিকা’।
ঠাকুরের নিজের সূক্ষ্মশরীরে ক্ষত দর্শন—অন্যের পাপভার গ্রহণের কারণে এমন হওয়া ও তার ফল
শ্যামপুকুরে থাকার সময় ঠাকুরের একদিন এক অদ্ভুত দর্শন হয়েছিল। তিনি দেখলেন, তাঁর সূক্ষ্মশরীর স্থূলদেহের ভিতর থেকে বেরিয়ে এসে ঘরের মধ্যে ইতস্তত বিচরণ করছে, এবং সেই সূক্ষ্মশরীরের পিঠে, গলার সংযোগস্থলে, কতকগুলি ক্ষত হয়েছে। বিস্মিত হয়ে তিনি এরকম ক্ষত হওয়ার কারণ কী, তা ভাবছেন, এমন সময়ে শ্রীশ্রীজগদম্বা তাঁকে বুঝিয়ে দিলেন, নানারকম দুষ্কর্ম করে এসে লোকে তাঁকে স্পর্শ করে পবিত্র হয়েছে, আর তাদের পাপভার এভাবে তাঁর মধ্যে সংক্রমিত হওয়ায় তাঁর শরীরে ক্ষতরোগ হয়েছে। জীবের কল্যাণসাধনে তিনি লক্ষ লক্ষ বার জন্ম পরিগ্রহ করে দুঃখভোগ করতে কাতর নন, এ কথা আমরা দক্ষিণেশ্বরে ঠাকুরকে সময়ে সময়ে বলতে শুনেছিলাম, সুতরাং ওই দর্শনে কিছুমাত্র বিচলিত না হয়ে তিনি যে এবার আনন্দের সঙ্গে সে কথা আমাদের বলবেন, তা বিচিত্র বোধ হল না, এবং এতে তাঁর অপার করুণার কথা স্মরণ ও আলোচনা করে আমরা মুগ্ধ হলাম। কিন্তু ঠাকুরের শ্যামপুকুরে থাকার সময়ে ভক্তেরা—বিশেষত যুবক-ভক্তেরা—বিশেষ চেষ্টা করতে লাগলেন, যাতে তাঁর শরীর আগের মতো সুস্থ না হওয়া পর্যন্ত কোনো নতুন লোক এসে তাঁর চরণ স্পর্শ করে প্রণাম না করে; ভক্তদের মধ্যে কেউ কেউ আবার পূর্বজীবনের উচ্ছৃঙ্খলতার কথা স্মরণ করে, এখন থেকে ঠাকুরের পবিত্র দেহ আর স্পর্শ করবেন না, এমন সংকল্প করে বসলেন। আবার নরেন্দ্র-প্রমুখ কোনো কোনো বিরল ব্যক্তি সেই দর্শনের কথা শুনে, অন্যকৃত কর্মের জন্য অন্যের স্বেচ্ছায় ফলভোগ করার যে মতবাদ খ্রিস্টান, বৈষ্ণব প্রভৃতি কোনো কোনো ধর্মের মূলভিত্তি হয়ে রয়েছে, এতে তারই সত্যতার ইঙ্গিত পেয়ে সে বিষয়ে চিন্তা ও গবেষণায় ব্রতী হলেন।
নবাগত ব্যক্তিদের সম্বন্ধে ভক্তদের নিয়মবন্ধন
ঠাকুরের কাছে নতুন লোকের যাতায়াত নিবারণের চেষ্টা দেখে গিরিশচন্দ্র বলেছিলেন, “চেষ্টা করছ, করো, কিন্তু তা সম্ভবপর নয়—কারণ, উনি (ঠাকুর) যে সেজন্যই দেহধারণ করেছেন।” ফলে দেখা গেল, সম্পূর্ণ অপরিচিত লোকদের নিষেধ করতে পারলেও ভক্তদের পরিচিত নবাগত ব্যক্তিদের নিবারণ করা সম্ভবপর হল না। সুতরাং নিয়ম হল, ভক্তদের মধ্যে কারও সঙ্গে বিশেষ পরিচয় না থাকলে নবাগত কাউকে ঠাকুরের কাছে যেতে দেওয়া হবে না, এবং এমন সব ব্যক্তিকে আগে থেকে বলে দেওয়া হবে, তাঁরা যেন ঠাকুরের চরণ স্পর্শ করে প্রণাম না করেন। সম্পূর্ণ অপরিচিত কারও কারও ব্যাকুলতা দেখে মধ্যে মধ্যে এই নিয়মেরও ব্যতিক্রম হতে লাগল।
কালীপদের সাহায্যে অভিনেত্রীর ঠাকুরকে দর্শন
এই নিয়ম নিয়ে একদিন এক রঙ্গ ঘটেছিল। ঠাকুর দক্ষিণেশ্বরে থাকার সময় একদিন গিরিশচন্দ্র-পরিচালিত নাট্যশালায় ধর্মমূলক এক নাটকের অভিনয় দেখতে গিয়েছিলেন, এবং নাটকের প্রধান ভূমিকা যে অভিনেত্রী নিয়েছিল, তার অভিনয়দক্ষতার প্রশংসা করেছিলেন। অভিনয়ের শেষে সেদিন সেই অভিনেত্রী ভাবাবিষ্ট ঠাকুরের পাদবন্দনা করার সৌভাগ্যের অধিকারিণী হয়েছিল। তখন থেকে সে তাঁকে সাক্ষাৎ দেবতা বলে মনে মনে বিশেষ শ্রদ্ধা-ভক্তি করত, এবং আর একদিন তাঁর পুণ্যদর্শন পাওয়ার সুযোগ খুঁজছিল। ঠাকুরের নিদারুণ পীড়ার কথা শুনে সে এবার তাঁকে একবার দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল, এবং শ্রীযুত কালীপদ ঘোষের সঙ্গে পরিচয় থাকায় বিশেষ অনুনয়-বিনয় করে সেজন্য তাঁর শরণাপন্ন হল। কালীপদ সব বিষয়ে গিরিশচন্দ্রের অনুগামী ছিলেন, এবং ঠাকুরকে যুগাবতার বলে ধারণা করতেন, সেজন্য দুষ্কৃতকারী অনুতপ্ত হয়ে তাঁর চরণ স্পর্শ করলে তাঁর রোগবৃদ্ধি হবে—এ কথায় আস্থা রাখতেন না। সুতরাং ঠাকুরের কাছে সেই অভিনেত্রীকে আনতে তাঁর মনে কোনো দ্বিধা বা ভয় এল না। গোপনে পরামর্শ করে সব স্থির হলে একদিন সন্ধ্যার মুখে তিনি তাকে পুরুষের মতো ‘হ্যাট কোটে’ সাজিয়ে শ্যামপুকুরের বাসায় এসে হাজির হলেন, এবং নিজের বন্ধু বলে আমাদের কাছে পরিচয় দিয়ে ঠাকুরের সমীপে নিয়ে গিয়ে তার যথার্থ পরিচয় দিলেন। ঠাকুরের ঘরে তখন আমরা কেউই ছিলাম না, তাই এ কাজে তাঁকে কোনো বাধাই পেতে হল না। আমাদের চোখে ধুলো দেওয়ার জন্যই অভিনেত্রী ওই বেশে এসেছে জেনে রঙ্গপ্রিয় ঠাকুর হাসতে লাগলেন, এবং তার সাহস ও দক্ষতার প্রশংসা করে তার ভক্তি-শ্রদ্ধা দেখে সন্তুষ্ট হলেন। তারপর, সে যাতে ঈশ্বরে বিশ্বাস রেখে তাঁর শরণাপন্ন হয়ে থাকে, সেজন্য তাকে দু-চারটি তত্ত্বকথা বলে অল্পক্ষণ পরে বিদায় দিলেন। সেও চোখের জল ফেলতে ফেলতে তাঁর শ্রীচরণে মাথা ঠেকিয়ে কালীপদের সঙ্গে চলে গেল। ঠাকুরের কাছ থেকে আমরা পরে এ কথা জানতে পারলাম, এবং আমরা প্রতারিত হওয়ায় তিনি হাসি-পরিহাস ও আনন্দ করছেন দেখে কালীপদের উপর বিশেষ রাগ করতে পারলাম না।
ভক্তদের মধ্যে ভাবুকতা বৃদ্ধির কারণ
ঠাকুরের সঙ্গগুণে এবং তাঁর সেবা করার ফলে ভক্তদের হৃদয়ে ভক্তি-বিশ্বাস দিন দিন বেড়ে চললেও, এক বিষয়ে তাদের মনের গতি বিপদসংকুল বিপরীত পথে যেতে পারে, এমন সম্ভাবনা এই সময়ে দেখা দিয়েছিল। কঠোর ত্যাগ এবং কষ্টসাধ্য সংযমের আদর্শের চেয়ে সাময়িক ভাবের উচ্ছ্বাসই তখন তাদের কাছে বেশি প্রিয় হয়ে উঠছিল। ত্যাগ ও সংযমকে ভিত্তিরূপে অবলম্বন করে উদিত না হলে এমন ভাবোচ্ছ্বাস ধর্মমূলক হলেও যে মানুষকে কাম-ক্রোধাদি রিপুর সঙ্গে সংগ্রামে জয়ী হওয়ার সামর্থ্য দিতে পারে না, এ কথা তারা বুঝতে পারছিল না। এমন হওয়ার অনেকগুলি কারণ একে একে দেখা দিয়েছিল। প্রথমত, সহজ বা সুখসাধ্য পথ ও বিষয়কে অবলম্বন করতে যাওয়াই মানুষের সাধারণ প্রকৃতি। ধর্মানুষ্ঠান করতে গিয়েও সে সংসার ও ঈশ্বর, ভোগ ও ত্যাগ—উভয় দিক রক্ষা করে চলতে চায়। কোনো কোনো ভাগ্যবান ব্যক্তিই সে দুটিকে আলো ও অন্ধকারের মতো বিপরীত ধর্মবিশিষ্ট বলে ধারণা করে, এবং ঈশ্বরার্থে সর্বত্যাগরূপ আদর্শকে কেটে-ছেঁটে অনেকটা নামিয়ে না আনলে যে ওই দুইয়ের সামঞ্জস্য হওয়া অসম্ভব, এ কথা বুঝে এমন ভ্রমে পড়ে না। এভাবে উভয় দিক রক্ষা করে যারা চলতে চায়, তারা শিগগিরই ত্যাগাদর্শের দিকে এতটা পর্যন্তই অগ্রসর হওয়া কর্তব্য ভেবে সীমা টানে, এবং চিরকালের জন্য সংসারে নোঙর ফেলে বসে। সেজন্য কেউ তাঁর কাছে আসামাত্র ঠাকুর তাকে নানাভাবে পরীক্ষা করে দেখতেন, সে ওইভাবে নোঙর ফেলে নিশ্চিন্ত হয়ে বসেছে কি না, এবং তেমন করেছে বুঝলে ঈশ্বরার্থে সর্বস্বত্যাগরূপ আদর্শের যতটা সে নিতে পারবে, প্রথমে কেবল ততটাই তার কাছে প্রকাশ করতেন। সেজন্যই দেখা যেত, অধিকারিভেদে তাঁর উপদেশ বিভিন্ন প্রকারের হচ্ছে, অথবা তাঁর গৃহী ও যুবক-ভক্তদের তিনি সাধন সম্বন্ধে ভিন্ন প্রকারের শিক্ষা দিচ্ছেন। এজন্যই আবার সর্বসাধারণকে উপদেশ দেওয়ার সময় তিনি বলতেন, ‘কলিতে কেবলমাত্র হরির নামসঙ্কীর্তন ও নারদীয়-ভক্তি।’ সাধারণের মধ্যে তখন ধর্ম ও শাস্ত্রচর্চা এতটা লুপ্ত হয়েছিল যে, ‘নারদীয়-ভক্তি’ কথার অর্থও শতের মধ্যে একজন বুঝত কি না সন্দেহ। নারদীয়-ভক্তিতেও যে ঈশ্বরপ্রেমে সর্বস্ব ত্যাগের উপদেশ দেওয়া হয়েছে, এ কথা লোকের হৃদয়ঙ্গম হত না। সুতরাং ঠাকুরের অনভিজ্ঞ ভক্তেরা যে দুর্বল প্রকৃতির বশবর্তী হয়ে সময়ে সময়ে সংসার ও ধর্ম উভয়ই বজায় রাখার ভ্রমে পড়বেন, এবং সুখসাধ্য ভাবুকতার বৃদ্ধিটাকেই ধর্মলাভের চূড়ান্ত বলে ধরে নেবেন, এ কথা বিচিত্র নয়।
আবার, আমরা ঠাকুরের কাছে যাওয়ার আগে তাঁর কঠোর সংযম ও তপস্যাদি অনুষ্ঠিত হয়েছিল বলে, তাঁর অলৌকিক ভাবুকতা কোন সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত রয়েছে, তা দেখতে না পাওয়াটা ভক্তদের ওই ভ্রমে পড়ার অন্যতম কারণ বলে বোধ হয়। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত কারণ দেখা দিল, যখন গিরিশচন্দ্র ঠাকুরের আশ্রয় লাভ করলেন, এবং তাঁকে যুগাবতার বলে স্থির ধারণা করে প্রাণের উল্লাসে সাধারণের সামনে সে কথা হেঁকে-ডেকে বলে বেড়াতে লাগলেন। ঠাকুরের সম্বন্ধে এমন ধারণা আগে অনেকের প্রাণে জাগলেও তারা সকলে তাঁর নিষেধ মেনে সে কথা প্রাণের মধ্যে লুকিয়ে রেখেছিল—কারণ ঠাকুর চিরকাল এ কথা বলে আসছিলেন, তাঁর দেহরক্ষার অল্পদিন আগেই বহু লোকে তাঁকে ঈশ্বরাবতার বলে জানতে পারবে। গিরিশচন্দ্রের মনের গঠন অন্যরকম ছিল, তিনি দুষ্কর্ম বা সুকর্ম যা কিছু করেছেন, আজীবন কখনও লুকিয়ে করতে পারেননি, সুতরাং এ বিষয়েও ঠাকুরের নিষেধ মেনে চলতে পারলেন না। তাঁর প্রখর বুদ্ধি, উচ্চাবচ ঘটনাবহুল বিচিত্র জীবন এবং প্রাণের অসীম উৎসাহ ও বিশ্বাসই যে তাঁকে ঠাকুরের দিব্যশক্তির অনন্ত প্রভাবের কথা বুঝিয়ে তাঁর হাতে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে সাহায্য করেছে, এ কথা ভুলে গিয়ে তিনি নিজে যা করেছেন তা-ই করার জন্য সকলকে মুক্তকণ্ঠে আহ্বান করতে লাগলেন। ফলে আন্তরিকতার বদলে লোকে মুখে ‘বকল্মা দিয়েছি’, ‘আত্মসমর্পণ করেছি’ ইত্যাদি বলে সাধন, ভজন, ত্যাগ ও তপস্যাদির প্রয়োজনীয়তা উপেক্ষা করে ধর্মলাভ ব্যাপারটাকে সুখসাধ্য করে নিল। ঠাকুরের প্রতি গিরিশচন্দ্রের অসীম ভালোবাসা এ বিষয় প্রচারের পথে অন্তরায় হতে পারত, কিন্তু তাঁর বুদ্ধি তাঁকে বুঝিয়ে দিল, যুগযুগান্তের গ্লানি দূর করে অভিনব ধর্মচক্র প্রবর্তনের জন্য যাঁর দেহধারণ, এবং ত্রিতাপে তাপিত জীবকুলকে আশ্রয় দেওয়ার জন্যই যিনি জন্মজরাদি দুঃখকষ্ট স্বেচ্ছায় বহন করছেন, অভীষ্ট কার্য সম্পূর্ণ হওয়ার আগে তাঁর দেহাবসান কখনও সম্ভবপর নয়। সুতরাং ঠাকুরের আশ্রয় লাভ করে লোকে তাঁর মতো শান্তি ও দিব্যোল্লাসের অধিকারী হবে বলে তিনি যে তাদের আহ্বান করছেন, তাতে দূষণীয় কিছুই নেই।
ভাবুকতার বৃদ্ধি বিষয়ে গিরিশের অনুসরণে রামচন্দ্রের চেষ্টা
গিরিশচন্দ্রের প্রখর বুদ্ধি ও যুক্তিতর্কের সামনে রামচন্দ্র-প্রমুখ অনেক প্রবীণ গৃহী ভক্তের বুদ্ধি তখন ভেসে গিয়েছিল। আমরা ইতিপূর্বে বলেছি, রামচন্দ্র বৈষ্ণববংশে জন্মগ্রহণ করেছিলেন, সুতরাং দিব্যশক্তির বিকাশ দেখে তিনি যে ঠাকুরকে শ্রীকৃষ্ণ ও শ্রীগৌরাঙ্গ বলে বিশ্বাস করবেন, এটা বিচিত্র কিছু নয়। কিন্তু গিরিশচন্দ্রের প্রচারের আগে তিনি সে বিশ্বাস অনেকটা রেখে-ঢেকে লোকসমক্ষে প্রকাশ করতেন। এবার গিরিশচন্দ্রের সহায়তা পেয়ে এ বিষয়ে তাঁর উৎসাহ পুরোমাত্রায় বেড়ে উঠল। তিনি তখন ঠাকুরকে অবতার বলে চিহ্নিত করেই ক্ষান্ত রইলেন না, ঠাকুরের ভক্তদের মধ্যে কে গৌরাঙ্গ ও শ্রীকৃষ্ণ-অবতারে কোন সাঙ্গোপাঙ্গরূপে আবির্ভূত হয়েছিল, সময়ে সময়ে তা নিয়ে জল্পনাও করতে লাগলেন, এবং বলা বাহুল্য, সাময়িক ভাবুকতার উচ্ছ্বাসে যাদের এই সময়ে শারীরিক বিকৃতি এবং কখনও কখনও বাহ্যসংজ্ঞার লোপ হচ্ছিল, তারা তাঁর সিদ্ধান্তে উচ্চস্থান পেতে লাগল।
বিজয়কৃষ্ণ গোস্বামীর এ বিষয়ে সহায়তা
ঠাকুরের যুগাবতারত্বে বিশ্বাস রেখে ভক্তদের অনেকে যখন এভাবে ভাবুকতার উচ্ছ্বাসে গা ঢেলে দিচ্ছিল, তখন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকা থেকে ঠাকুরকে দর্শন করতে এসে সকলের সামনে মুক্তকণ্ঠে ঘোষণা করলেন যে, তিনি ঢাকায় ঘরের ভিতরে বসে ধ্যান করার সময় ঠাকুর সেখানে সশরীরে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি (বিজয়) তাঁর অঙ্গপ্রত্যঙ্গ স্বহস্তে স্পর্শ করে দেখেছিলেন[1]—এতে আগুনে ইন্ধন জোগানোর মতো ফল হল। এভাবে নানা প্রকারে ভাবুকতা বেড়ে ওঠায় ভক্তদের মধ্যে পাঁচ-সাত জনের তখন ভজন-সংগীতাদি শোনামাত্র বাহ্যসংজ্ঞার আংশিক লোপ ও শারীরিক বিকৃতি দেখা দিচ্ছিল, এবং অনেকেই সহজবুদ্ধি ও জ্ঞানবিচারের প্রশস্ত পথ পরিত্যাগ করে, ঠাকুরের দৈবশক্তির প্রভাবে কখন কী অঘটন ঘটে বসবে, এমন একটা ভাব নিয়ে সর্বদা উদ্গ্রীব হয়ে থাকতে অভ্যস্ত হয়ে উঠছিল।
ভাবুকতা খর্ব করে ভক্তদের মধ্যে ত্যাগ-সংযমাদি বৃদ্ধির জন্য নরেন্দ্রের চেষ্টা—ঠাকুর সে চেষ্টা করেননি কেন
ভাবুকতার বৃদ্ধিই যখন এভাবে ভক্তদের মধ্যে ধর্মের চূড়ান্ত বলে গণ্য হচ্ছিল, তখন ত্যাগ, সংযম ও নিষ্ঠাদির তুলনায় তা যে অতি অকিঞ্চিৎকর বস্তু, এবং তার নির্বাধ প্রশ্রয়ে ভবিষ্যতে বিষম বিপদের সম্ভাবনা আছে—এ কথা, ঠাকুর ভক্তদের মধ্যে যাঁকে সর্বদা সবচেয়ে উচ্চাসন দিতেন, সেই সূক্ষ্মদর্শী নরেন্দ্রনাথের দৃষ্টি এড়াতে পারেনি। তিনি সে কথা বুঝিয়ে ভাবুকতার হাত থেকে ভক্তদের রক্ষা করতে বিশেষ চেষ্টা করেছিলেন। প্রশ্ন হতে পারে, ভক্তদের এভাবে বিপথে যাওয়ার সম্ভাবনা দেখেও ঠাকুর নিশ্চেষ্ট ছিলেন কেন? উত্তরে বলা যায়, তিনি নিশ্চেষ্ট ছিলেন না, বরং যে ভাবুকতায় কোনো কৃত্রিমতা নেই, তাকে ঈশ্বরলাভের অন্যতম পথ জেনে, ওই সব ভক্তের মধ্যে কোন কোন ব্যক্তি সে পথের যথার্থ অধিকারী তা লক্ষ করে, তাদের সেই পথে চালিত করার সময় ও সুযোগ খুঁজছিলেন—কারণ, তাঁকে আমরা বারবার বলতে শুনেছি, ‘ইচ্ছা করলেই সহজে কোনো বিষয় সংসিদ্ধ হয় না, কালে হয়’, অথবা, সে বিষয়ের সিদ্ধি উপযুক্ত কাল আসার প্রতীক্ষা করে। এমনও হতে পারে, ভক্তদের ওই ভ্রম দূর করতে নরেন্দ্রনাথকে বদ্ধপরিকর দেখে ঠাকুর তার ফলাফল লক্ষ করছিলেন, অথবা নরেন্দ্রনাথকে যন্ত্র করে এ কাজ সংসিদ্ধ করাই তাঁর অভীপ্সিত ছিল।
জীবনে স্থায়ী পরিবর্তন আনে না বলে ভাবুকতার মূল্য নেই
দৃঢ়বদ্ধ শরীর এবং স্থিরপ্রতিজ্ঞ মনের অধিকারী যুবক ভক্তমণ্ডলীই তাঁর কথা সহজে ধরতে-বুঝতে পারবে ভেবে নরেন্দ্রনাথ নানা যুক্তিতর্ক দিয়ে তাদের সর্বদা বলতে লাগলেন, “যে ভাবোচ্ছ্বাস মানবজীবনে স্থায়ী পরিবর্তন আনে না, যার প্রভাব মানুষকে এই মুহূর্তে ঈশ্বরলাভের জন্য ব্যাকুল করে তুলে পরক্ষণে কামকাঞ্চনের অনুসরণ থেকে নিবৃত্ত করতে পারে না, তার গভীরতা নেই, সুতরাং তার মূল্যও অতি অল্প। তার প্রভাবে কারও শারীরিক বিকৃতি, যেমন অশ্রুপুলকাদি, অথবা কিছুক্ষণের জন্য বাহ্যসংজ্ঞার আংশিক লোপ হলেও আমার নিশ্চিত ধারণা, তা স্নায়বিক দৌর্বল্যপ্রসূত; মানসিক শক্তির বলে তা দমন করতে না পারলে পুষ্টিকর খাদ্য খাওয়া এবং চিকিৎসকের সাহায্য নেওয়া মানুষের অবশ্যকর্তব্য।”
অশ্রুপুলকাদি শারীরিক বিকৃতির মধ্যে অনেক সময় কৃত্রিমতা থাকে
নরেন্দ্র বলতেন, “এ ধরনের অঙ্গবিকার এবং বাহ্যসংজ্ঞা-লোপের ভিতর অনেকটা কৃত্রিমতা আছে। সংযমের বাঁধ যত উঁচু এবং দৃঢ় হবে, মানসিক ভাব তত গভীর হতে থাকবে, এবং কোনো কোনো বিরল ব্যক্তির জীবনেই আধ্যাত্মিক ভাবরাশি প্রবলতায় উত্তাল তরঙ্গের আকার ধারণ করে সেই সংযমের বাঁধকেও অতিক্রম করে অঙ্গবিকার এবং বাহ্যসংজ্ঞার বিলোপ-রূপে প্রকাশিত হয়। নির্বোধ মানুষ সে কথা বুঝতে না পেরে বিপরীত ভেবে বসে। সে মনে করে, এরকম অঙ্গবিকৃতি ও সংবিলুপ্তির ফলেই বুঝি ভাবের গভীরতা আসে, এবং সেজন্য সেগুলি যাতে তার তাড়াতাড়ি দেখা দেয়, ইচ্ছা করে সেই চেষ্টা করতে থাকে। এভাবে স্বেচ্ছাপ্রণোদিত চেষ্টা ক্রমে অভ্যাসে পরিণত হয়, এবং তার স্নায়ুগুলি দিন দিন দুর্বল হয়ে সামান্য ভাবের উদয়েও তার মধ্যে ওই বিকৃতিগুলি এনে দেয়। ফলে এর অবাধ প্রশ্রয়ে মানুষ শেষ পর্যন্ত চিররুগ্ণ অথবা বাতুল হয়ে যায়। ধর্মসাধনে অগ্রসর হয়ে শতকরা আশি জন জুয়াচোর এবং পনেরো জন আন্দাজ উন্মাদ হয়ে যায়। বাকি পাঁচজন মাত্র পূর্ণ সত্যের সাক্ষাৎকারে ধন্য হয়। অতএব সাবধান।”
কোনো কোনো ভক্তের আচরণ দেখে নরেন্দ্রের কথায় বিশ্বাস
নরেন্দ্রনাথের ওই কথাগুলি সম্পূর্ণ সত্য বলে আমরা প্রথম প্রথম বিশ্বাস করতে পারতাম না। কিন্তু অল্পদিন পরে ঘটনাচক্রে যখন জানা গেল, একজন ভক্ত নির্জনে বসে ভাবোদ্দীপক পদাবলি গাইতে গাইতে অনুরূপ অঙ্গবিকৃতি আনার জন্য চেষ্টা করে—ভাবাবেশে বাহ্যসংজ্ঞার আংশিক বিলোপ হলে আর একজন ভক্ত যেরকম মধুর নৃত্য করে, সেইরকম নৃত্য সে আগে অভ্যাস করেছিল—এবং ওই ব্যক্তির নৃত্য দেখার অল্প সময় পরে অন্য এক ব্যক্তিও ভাবাবিষ্ট হয়ে তার অনুরূপ নৃত্য করতে আরম্ভ করল, তখন তাঁর (নরেন্দ্রনাথের) কথার সত্যতা আমাদের অনেকটা হৃদয়ঙ্গম হল। আবার, একজন ভক্তের আগের চেয়ে ঘন ঘন ভাবাবেশ হতে দেখে তিনি একদিন তাকে বিরলে বিশেষ করে বুঝিয়ে ভাবসংযম অভ্যাস করতে ও অপেক্ষাকৃত পুষ্টিকর খাদ্য খেতে অনুরোধ করলেন, এবং এক পক্ষকাল তেমন করার ফলে সে যখন অনেকটা সুস্থ ও সংযত হতে পারল, তখন নরেন্দ্রনাথের কথায় অনেকে বিশ্বাস রেখে, সেই ভক্তদের মতো ভাবাবেশে অঙ্গবিকৃতি ও বাহ্যসংজ্ঞাবিলুপ্তি হয়নি বলে নিজেদের আর অভাগ্যবান ভাবতে পারল না।
ভাবুকতা নিয়ে নরেন্দ্রের ব্যঙ্গ পরিহাস—দানা ও সখী
যুক্তিতর্ক অবলম্বন করে এ বিষয় প্রচার করেই নরেন্দ্র ক্ষান্ত হননি, কারও ভাবুকতায় কিছুমাত্র কৃত্রিমতার সন্ধান পেলে তা নিয়ে সকলের সমক্ষে ব্যঙ্গ-পরিহাসে তাকে সময়ে সময়ে বিশেষ অপ্রতিভও করতেন। আবার, পুরুষের স্ত্রীজনোচিত ভাবানুকরণ—যেমন বৈষ্ণব সম্প্রদায়ে প্রচলিত সখীভাবাদি সাধনাভ্যাস—কখনও কখনও কীরকম হাস্যাস্পদ আকার ধারণ করে, সে প্রসঙ্গ তুলে তিনি ভক্তদের মধ্যে পরিহাসে কখনও কখনও হাসির রোল তুলতেন, এবং আমাদের মধ্যে যাদের তেমন ভাবপ্রবণতা ছিল, তাদের সখী-শ্রেণিভুক্ত বলে চিহ্নিত করে পরিহাস করতেন। মোট কথা, ধর্মসাধনে অগ্রসর হয়েছে বলে পুরুষ নিজের পুরুষকার, তত্ত্বানুসন্ধানপ্রবৃত্তি, ওজস্বিতাদি বিসর্জন দিয়ে সংকীর্ণ গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করবে, এবং কেবল স্ত্রীজনোচিত ভাবানুকরণ, বৈষ্ণবপদাবলি ও কান্না অবলম্বন করবে—এটা পুরুষসিংহ নরেন্দ্রনাথ একেবারেই সহ্য করতে পারতেন না। সেজন্য ঠাকুরের পুরুষভাবাশ্রয়ী, জ্ঞানমিশ্রা ভক্তিসম্পন্ন ভক্তদের তিনি পরিহাস করে ‘শিবের ভূত অথবা দানা-শ্রেণিভুক্ত’ বলে চিহ্নিত করতেন, আর যারা এর বিপরীত, তাদের সকলকে ওইভাবে ‘সখী-শ্রেণিভুক্ত’ বলতেন।
ভাবুকতার স্থলে যথার্থ বৈরাগ্য ও ঈশ্বরপ্রেম প্রতিষ্ঠা করার চেষ্টা
যুক্তিতর্কে এবং ব্যঙ্গ-পরিহাসের সাহায্যে এভাবে ভাবুকতার গণ্ডি ভেঙেই নরেন্দ্রনাথ নিশ্চিন্ত হননি। কারও কোনো ভাব ভেঙে তার জায়গায় অবলম্বনরূপে অন্য ভাব যতক্ষণ না প্রতিষ্ঠিত করা যায়, ততক্ষণ প্রচারকার্য সুসম্পন্ন ও ফলপ্রসূ হয় না—এ কথা তিনি সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতেন, এবং সেজন্য এই সময় থেকে সে বিষয়ে বিশেষ চেষ্টা করতে লাগলেন। অবসর সময়ে তিনি যুবক-ভক্তদের দলবদ্ধ করতেন, এবং তাদের সঙ্গে মিলে সংসারের অনিত্যতা, বৈরাগ্য এবং ঈশ্বরভক্তিমূলক সংগীতগুলি গেয়ে তাদের প্রাণে ত্যাগ, বৈরাগ্য এবং ভক্তিভাব অনুক্ষণ প্রদীপ্ত রাখতেন। ঠাকুরকে দর্শন করতে এসে অনেকে তখন নরেন্দ্রনাথের মধুর সুরলহরী-উৎক্ষিপ্ত ‘কেয়া দেলমান তামিল পেয়ারা আখের মাট্টিমে মিল যানা’, অথবা—‘জীবন মধুময় তব নামগানে হয় হে, অমৃতসিন্ধু চিদানন্দঘন হে’, অথবা—
মনোবুদ্ধ্যহঙ্কারচিত্তানি নাহং
ন চ শ্রোত্রজিহ্বে ন চ ঘ্রাণনেত্রে।
ন চ ব্যোম ভূমির্ন তেজো ন বায়ু-
শ্চিদানন্দরূপঃ শিবোহহং শিবোহহম্।।
ঠাকুরকে ভালোবাসলে তাঁর সদৃশ জীবন হবে
প্রভৃতি সংগীত ও স্তবাদি শুনে বৈরাগ্য ও ঈশ্বরপ্রেমের উদ্দীপনায় অশ্রু বিসর্জন করতে করতে ফিরে গেছেন। ঠাকুরের জীবনের গভীর ঈশ্বরানুরাগপ্রসূত সাধনের কথাগুলি বিবৃত করে কখনও বা তিনি ঠাকুরের মহিমা জানিয়ে তাদের মুগ্ধ ও স্তম্ভিত করতেন, এবং ‘ঈশানুসরণ’ গ্রন্থ থেকে বচন উদ্ধৃত করে বলতেন, ‘প্রভুকে যে যথার্থ ভালোবাসবে, তার জীবন সর্বতোভাবে শ্রীপ্রভুর জীবনের অনুযায়ী গঠিত হয়ে উঠবে, অতএব ঠাকুরকে আমরা ঠিক ঠিক ভালোবাসি কি না, তার প্রকৃষ্ট প্রমাণ এ থেকেই পাওয়া যাবে’। আবার ‘অদ্বৈত-খান আঁচলে বেঁধে যা ইচ্ছা তা কর’—ঠাকুরের এই কথা তাদের স্মরণ করিয়ে বুঝিয়ে দিতেন, তাঁর সব প্রকার ভাবুকতা ওই জ্ঞানকে ভিত্তিরূপে অবলম্বন করে উত্থিত হয়—অতএব ওই জ্ঞান যাতে সবার আগে লাভ করা যায়, সেজন্য তাদের সচেষ্ট হতে হবে।
ভক্তদেরকে নতুন তত্ত্বগুলি পরীক্ষা করে গ্রহণ করানোর চেষ্টা
নতুন তত্ত্বগুলি পরীক্ষা করে গ্রহণ করতে তিনি তাদের অনেক সময়ে প্রোৎসাহিত করতেন। আমাদের স্মরণ আছে, ধ্যান বা চিত্তৈকাগ্রতার সাহায্যে নিজের ও অন্যের শারীরিক ব্যাধি দূর করা যেতে পারে, এ কথা শুনে তিনি একদিন ঠাকুরের শারীরিক ব্যাধি দূর করার উদ্দেশ্যে আমাদের একত্র করেছিলেন, এবং দরজা বন্ধ করে ঘরের ভিতরে সেই অনুষ্ঠানে বসিয়েছিলেন। তেমনই আবার, অযুক্তিকর বিষয়গুলি থেকে ভক্তেরা যাতে দূরে থাকে, সেজন্যও তিনি সর্বদা চেষ্টা করতেন। দৃষ্টান্তস্বরূপ নিম্নলিখিত ঘটনাটির কথা বলা যেতে পারে—
মহিম চক্রবর্তীর লোকমান্যলাভের লালসা
মতিঝিলের দক্ষিণাংশ যেখানে কাশীপুরের রাস্তার সঙ্গে সংযুক্ত হয়েছে, ঠিক তার সামনে রাস্তার অন্য পাশে মহিমাচরণ চক্রবর্তীর বাড়ি ছিল। নানা সদ্গুণে ভূষিত হলেও চক্রবর্তী মহাশয় লোকমান্যের জন্য নিরন্তর লালায়িত ছিলেন। বোধ হয়, মিথ্যার আশ্রয় নিলে যদি লোকমান্য পাওয়া যেত, তা হলে তা করতেও তিনি কুণ্ঠিত হতেন না। কিসে লোকে তাঁকে ধনী, বিদ্বান, বুদ্ধিমান, ধার্মিক, দানশীল ইত্যাদি যাবতীয় সদ্গুণশালী বলবে, এই ভাবনা তাঁর জীবনের প্রত্যেক কাজ নিয়ন্ত্রণ করত, এবং সময়ে সময়ে তাঁকে লোকের কাছে হাস্যাস্পদও করে তুলত। চক্রবর্তী মহাশয় এক সময়ে একটি অবৈতনিক বিদ্যালয় খুলে তার নাম রেখেছিলেন ‘প্রাচ্য-আর্য্য-শিক্ষা কাণ্ড-পরিষৎ’, তাঁর একমাত্র ছেলের নাম রেখেছিলেন ‘মৃগাঙ্ক মৌলী পূততুণ্ডী’, বাড়িতে একটি হরিণ ছিল, তার নামকরণ করেছিলেন ‘কপিঞ্জল’। কারণ তাঁর মতো পণ্ডিত ব্যক্তির ছোটখাটো সরল নাম রাখা কি শোভা পায়? তাঁর ইংরেজি, সংস্কৃত নানা গ্রন্থের সংগ্রহ ছিল। আলাপ হওয়ার পরে একদিন নরেন্দ্রনাথের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম, ‘চক্রবর্তী মহাশয়, আপনি এত গ্রন্থ সব পড়েছেন?’ উত্তরে তিনি সবিনয়ে তা স্বীকার করলেন। কিন্তু পরক্ষণেই নরেন্দ্র তার মধ্য থেকে কতকগুলি গ্রন্থ বের করে সেগুলির পাতা কাটা নেই দেখে কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, ‘কী জানো ভায়া, লোকে আমার পড়া বইগুলি নিয়ে গিয়ে আর ফিরিয়ে দেয়নি, তার জায়গায় এই বইগুলি আবার কিনে রেখেছি, এখন আর কাউকে বই নিয়ে যেতে দিই না।’ নরেন্দ্রনাথ কিন্তু অল্পদিনেই আবিষ্কার করেছিলেন, চক্রবর্তী মহাশয়ের সংগৃহীত যাবতীয় বইয়েরই পাতা কাটা নেই! সুতরাং ওই সব গ্রন্থ যে তিনি কেবলমাত্র লোকমান্যলাভ ও গৃহশোভাবর্ধনের জন্য রেখেছেন, সে বিষয়ে নরেন্দ্রের একরকম দৃঢ় ধারণা হয়েছিল।
জ্ঞানী মহিমের ব্যাঘ্রাজিন
আমাদের সঙ্গে আলাপ হওয়ার সময় ধর্মসাধনার কথাপ্রসঙ্গে চক্রবর্তী মহাশয় নিজেকে জ্ঞানমার্গের সাধক বলে পরিচয় দিয়েছিলেন। কলিকাতাবাসী ভক্তেরা ঠাকুরের কাছে যাওয়ার বহু বছর আগে থেকে মহিমাচরণ দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন, এবং কোনো কোনো পর্বদিনে পঞ্চবটীতলে ব্যাঘ্রচর্ম বিছিয়ে, গেরুয়া বস্ত্র পরে, রুদ্রাক্ষ ধারণ করে ও একতারা হাতে নিয়ে আড়ম্বর করে সাধনায় বসতেন। বাড়ি ফেরার সময় ব্যাঘ্রাজিনখানি ঠাকুরের ঘরের এক কোণে দেয়ালের গায়ে ঝুলিয়ে রেখে যেতেন। ঠাকুর তাঁকে ‘এক আঁচড়ে’ই চিনে নিয়েছিলেন। কারণ, ওই ব্যাঘ্রাজিনখানি কার, আমাদের একজন একদিন এ প্রশ্ন করলে তিনি বলেছিলেন, “ওখানি মহিম চক্রবর্তী রেখে গেছে। কেন জানো? লোকে ওটা দেখে জিজ্ঞাসা করবে ওখানি কার, আর আমি তার নাম করলে ভাববে, মহিম চক্রবর্তী একটা মস্ত সাধক।”
মহিমের গুরু
দীক্ষা সম্বন্ধে কথা উঠলে মহিম বাবু কখনও বলতেন, “আমার গুরুদেবের নাম আগমাচার্য ডমরুবল্লভ।” আবার কখনও বলতেন, “ঠাকুরের মতো আমিও পরমহংস পরিব্রাজক শ্রীযুক্ত তোতাপুরীর কাছে দীক্ষাগ্রহণ করেছি! পশ্চিমে তীর্থপর্যটনের সময় এক জায়গায় তাঁর দর্শন পেয়েছিলাম এবং দীক্ষিত হয়েছিলাম, ঠাকুরকে তিনি ভক্তি অবলম্বন করে থাকতে বলেছেন, আর আমাকে জ্ঞানমার্গের সাধক হয়ে সংসারে থাকতে উপদেশ দিয়েছেন।” বলা বাহুল্য, সে কথা কতটা সত্য, তা তিনি নিজে এবং সর্বান্তর্যামী পুরুষই জানতেন।
মহিম বাবুর ধর্ম-সাধনা
সাধনা বলতে দেখা যেত, মহিম বাবু যখন-তখন এবং যেখানে-সেখানে একতারার সুরের সঙ্গে গলা মিলিয়ে প্রণবোচ্চারণ, মধ্যে মধ্যে উত্তরগীতাদি পুস্তকের এক-আধটি শ্লোক পাঠ ও হুংকারধ্বনি করতেন। তিনি বলতেন, এটাই সনাতন জ্ঞানমার্গের সাধনা, এটা করলে অন্য কোনো সাধনা করার প্রয়োজন নেই। এতেই কুলকুণ্ডলিনী জাগরিত হয়ে উঠবে এবং ঈশ্বরদর্শন হবে। মহিম বাবুর বাড়িতে শ্রীশ্রীঅন্নপূর্ণামূর্তি প্রতিষ্ঠিত ছিল, এবং বোধ হয় প্রতি বছর জগদ্ধাত্রীপূজাও হত—তা থেকে অনুমান করা যায়, তিনি শাক্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শেষজীবনে ইনি শাক্ত সাধনপ্রণালীই অবলম্বন করেছিলেন বলে বোধ হয়। কারণ তখন তাঁকে একখানি ছোট বগি-গাড়িতে চড়ে ইতস্তত ঘুরে বেড়ানোর সময় মধ্যে মধ্যে চিৎকার করে বলতে শোনা যেত, ‘তারা তত্ত্বমসি, ত্বমসি তৎ’। চক্রবর্তী মহাশয়ের অল্প-অল্প জমিদারি ছিল, তার আয় থেকেই তাঁর সংসার চলত।
শ্যামপুকুরে মহিমাচরণ
ঠাকুর শ্যামপুকুরে থাকার সময় মহিম বাবু দু-তিন বার তাঁকে দেখতে এসেছিলেন। তখন ঠাকুরের সঙ্গে কুশলপ্রশ্ন করার পরে তিনি সাধারণের জন্য যে ঘর নির্দিষ্ট ছিল, তাতে এসে বসতেন, এবং একতারা বাজিয়ে মন্ত্রসাধন করতেন, আর তারই ফাঁকে মধ্যে মধ্যে অন্যের সঙ্গে ধর্মালাপ করতেন। তাঁর গৈরিক-পরিহিত সুন্দর কান্তি, বিশাল বপু এবং বাক্যচ্ছটায় মুগ্ধ হয়ে অনেকে তখন তাঁকে আধ্যাত্মিক নানা প্রশ্ন করত। ঠাকুরও কখনও কখনও তাঁকে বলতেন, “তুমি পণ্ডিত, (উপস্থিত সকলকে দেখিয়ে) এদের কিছু উপদেশ দাও গে।” কারণ কয়েকজন শিষ্য সংগ্রহ করে ধর্মোপদেষ্টা বলে নিজের নাম জাহির করাটা যে তাঁর প্রাণের ইচ্ছা, এ কথা ঠাকুরের জানতে বাকি ছিল না।
মহিম ও নরেন্দ্রের তর্ক
শ্যামপুকুরে এসে মহিম বাবু একদিন ওইভাবে নানা কথা বলতে লাগলেন, এবং অন্য সবরকম সাধনোপায়কে হীন করে দেখিয়ে তাঁর অবলম্বিত সাধনপথই শ্রেষ্ঠ এবং সহজ, এ কথা প্রতিপন্ন করতে লাগলেন। ঠাকুরের যুবক-ভক্তেরা সকলে তাঁর ওই কথাগুলি বিনা প্রতিবাদে শুনছে দেখে নরেন্দ্রনাথের আর সহ্য হল না। তিনি বিপরীত তর্ক তুলে মহিম বাবুর কথা যে অযুক্তিকর, তা দেখাতে লাগলেন এবং বললেন, ‘আপনার মতো একতারা বাজিয়ে মন্ত্রোচ্চারণ করলেই যে ঈশ্বরদর্শন হবে, তার প্রমাণ কী?’ উত্তরে মহিম বাবু বললেন, ‘নাদই ব্রহ্ম, ওই স্বরসংযুক্ত মন্ত্রোচ্চারণের প্রভাবে ঈশ্বরকে দেখা দিতেই হবে, অন্য আর কিছু করার আবশ্যক নেই’। নরেন্দ্র বললেন, “ঈশ্বর আপনার সঙ্গে এমন লেখা-পড়া করেছেন না কি? অথবা ঈশ্বর মন্ত্রৌষধিবশ সাপের মতো, সুর চড়িয়ে হুম-হাম করলেই অবশ হয়ে সুড়সুড় করে সামনে নেমে আসবেন!” বলা বাহুল্য, নরেন্দ্রনাথের তর্কের জন্য মহিম বাবুর প্রচারকার্যটা সেদিন বিশেষ জমল না, এবং তিনি তাড়াতাড়িই বিদায় নিলেন।
সব যথার্থ সাধককে সমান জ্ঞান করতে নরেন্দ্রের শিক্ষা দেওয়া
ভিন্ন সম্প্রদায়ভুক্ত যথার্থ সাধকেরা যাতে ঠাকুরের ভক্তদের কাছে বিশেষ সম্মান পায়, সে বিষয়েও নরেন্দ্রনাথের বিশেষ দৃষ্টি ছিল। তিনি বলতেন, সাধারণ লোকে যেমন অন্য সকলের নিন্দা এবং কেবলমাত্র নিজ নিজ সম্প্রদায়ের সাধকদেরই শ্রদ্ধা-ভক্তি করে, তেমন করলে ঠাকুরের ‘যত মত তত পথ’-রূপ মতবাদের উপর—সুতরাং ঠাকুরের উপরই—অশ্রদ্ধা প্রকাশ করা হয়। শ্যামপুকুরে থাকার সময়ের এমন একটি ঘটনার কথা আমাদের মনে পড়ছে—
খ্রিস্টান ধর্মযাজক প্রভুদয়াল মিশ্র
প্রভুদয়াল মিশ্র নামে একজন খ্রিস্টান ধর্মযাজক একদিন ঠাকুরকে দর্শন করতে এলেন। গেরুয়া পরা দেখে আমরা তাঁকে প্রথমে খ্রিস্টান বলে বুঝতে পারিনি। পরে কথাপ্রসঙ্গে তিনি যখন নিজের প্রকৃত পরিচয় দিলেন, তখন তাঁকে প্রশ্ন করা হল, তিনি খ্রিস্টান হয়ে গৈরিক বস্ত্র পরেন কেন? উত্তরে তিনি বললেন, “ব্রাহ্মণবংশে জন্মগ্রহণ করেছি, ভাগ্যক্রমে ঈশামসির উপর বিশ্বাস রেখে তাঁকে নিজের ইষ্টদেবতারূপে গ্রহণ করেছি বলেই কি আমাকে আমার পিতৃপিতামহাগত চালচলনাদি ছেড়ে দিতে হবে? আমি যোগশাস্ত্রে বিশ্বাস রেখে এবং ঈশাকে ইষ্টদেবতারূপে অবলম্বন করে নিত্য যোগাভ্যাস করি। জাতিভেদে আমার বিশ্বাস না থাকলেও যার-তার হাতে খেলে যোগাভ্যাসের হানি হয়, এ কথায় আমি বিশ্বাস করি, এবং নিত্য স্বপাকে হবিষ্যান্ন খাই। তার ফলে খ্রিস্টান হলেও যোগাভ্যাসের ফল—যেমন, জ্যোতির্দর্শনাদি—আমার একে একে দেখা দিচ্ছে। ভারতের ঈশ্বরপ্রেমিক যোগীরা সনাতন কাল থেকে গৈরিক পরে আসছেন, সুতরাং তার চেয়ে অন্য কোনো প্রকার বসন কি আমার কাছে প্রিয়তর হতে পারে?” প্রশ্নের পর প্রশ্ন করে নরেন্দ্রনাথ তাঁর প্রাণের কথাগুলি এভাবে একে একে বের করে নিলেন, এবং সাধু ও যোগী জেনে তাঁকে বিশেষ সম্মান দেখিয়ে আমাদেরও তেমন করতে শিক্ষা দিলেন। তাই আমাদের অনেকেও তাঁর পাদস্পর্শ করে প্রণাম করল, এবং তাঁর সঙ্গে একত্রে ঠাকুরের প্রসাদী মিষ্টান্নাদি খেল। ঠাকুরকে ইনি সাক্ষাৎ ঈশা বলে নিজের মত প্রকাশ করেছিলেন।
ঠাকুরের ব্যাধির বৃদ্ধি ও ভক্তদের তাঁকে কাশীপুরে নিয়ে যাওয়া
এভাবে নরেন্দ্রনাথ যখন ঠাকুরের ভক্তদের সুপথে পরিচালিত করতে রত ছিলেন, তখন ঠাকুরের শারীরিক ব্যাধি দিন দিন বেড়ে চলছিল। ডাক্তার সরকার আগে যে-সব ওষুধ প্রয়োগ করে কমবেশি ফল পেয়েছিলেন, সেগুলিতে এখন আর কোনো উপকার হচ্ছে না দেখে চিন্তিত হয়ে পড়লেন, এবং কলিকাতার দূষিত বায়ুর জন্য এমন হচ্ছে স্থির করে শহরের বাইরে কোনো বাগানবাড়িতে ঠাকুরকে রাখার পরামর্শ দিলেন। তখন অগ্রহায়ণের অর্ধেক কেটে গেছে। পৌষ মাসে ঠাকুর বাড়ি বদল করতে চাইবেন না জেনে ভক্তেরা এবার উঠে-পড়ে তেমন বাগানবাড়ির খোঁজে লেগে গেলেন, এবং অল্পদিনের মধ্যেই কাশীপুরের মতিঝিলের উত্তরাংশ যেখানে বরাহনগর-বাজারে যাওয়ার বড় রাস্তার সঙ্গে সংযুক্ত হয়েছে, ঠিক তার সামনে রাস্তার অন্য (পূর্ব) পাশে অবস্থিত রাণী কাত্যায়নীর জামাতা গোপালচন্দ্র ঘোষের উদ্যানবাটী ৮০ টাকা মাসিক ভাড়ায় ঠাকুরের থাকার জন্য নিয়ে নিলেন। ঠাকুরের পরমভক্ত, কলিকাতার শিমুলিয়া পল্লিনিবাসী সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় ওই বাড়িভাড়ার সমস্ত ব্যয় বহন করতে অঙ্গীকার করেছিলেন।
বাড়ি স্থির হলে শুভদিন দেখে শ্যামপুকুর থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে ওই বাড়িতে থাকার বন্দোবস্ত হতে লাগল। পরিশেষে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির একদিন আগে অপরাহ্ণে ভক্তেরা শ্যামপুকুরের বাসা থেকে ঠাকুরকে কাশীপুরের উদ্যানবাটীতে নিয়ে এলেন, এবং ফলপুষ্পসমন্বিত বৃক্ষরাজিশোভিত সেই স্থানের মুক্ত বায়ু, নির্জনতা প্রভৃতিতে ঠাকুরকে আনন্দিত দেখে পরম চিত্তপ্রসাদ লাভ করলেন।
[1] ‘লীলাপ্রসঙ্গ—গুরুভাব’, উত্তরার্ধ, ৫ম অধ্যায় দ্রষ্টব্য।
কলিকাতার উত্তরাংশে যে প্রশস্ত রাস্তাটি প্রায় তিন মাইল দূরের বরাহনগরকে বাগবাজার পাড়ার সঙ্গে সংযুক্ত করে রেখেছে, তারই উপরে কাশীপুরের উদ্যান-বাটী রয়েছে।
বাগবাজার পুলের উত্তর থেকে আরম্ভ করে ওই উদ্যানের কিছু দূর দক্ষিণে কাশীপুরের চৌরাস্তা পর্যন্ত সেই রাস্তার প্রায় দুই পাশেই দরিদ্র মুটেমজুর-শ্রেণির লোকদের থাকার কুটির এবং তাদেরই দৈনন্দিন জীবননির্বাহের উপযোগী দ্রব্যসম্ভারে ভরা ছোট ছোট দোকান দেখা যায়, তার মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত কয়েকখানি ইটের বাড়ি—যেমন, কয়েকটি পাটের গাঁট বাঁধার কুঠি, দাস কোম্পানির লোহার কারখানা, রেলির কুঠি, দুই-একখানি বাগান বা বসতবাড়ি ও কাশীপুরের চৌরাস্তার দক্ষিণ-পশ্চিম কোণে পুলিশের ও আগুন নেভানোর ইঞ্জিন প্রভৃতি রাখার কুঠি, এবং তারই পশ্চিমে অনতিদূরে সর্বমঙ্গলা দেবীর সুপ্রসিদ্ধ মন্দির—যেন মানুষের মধ্যে বিষম অবস্থাভেদের সাক্ষ্য দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। শিয়ালদহ রেলওয়ের উন্নতি ও বিস্তার হওয়ায় এখন আবার ওই রাস্তার ধারে অনেকগুলি টিনের ছাদ দেওয়া গুদাম ইত্যাদি তৈরি হয়ে, কয়েক বছর আগে তার যা কিছু সৌন্দর্য ছিল, তারও অধিকাংশের বিলোপ ঘটিয়েছে। এভাবে এই প্রাচীন রাস্তাটি নয়নপ্রীতিকর না হলেও ঐতিহাসিকের চোখে তার কিছু মূল্য আছে। কারণ শোনা যায়, এই পথ দিয়ে এগিয়েই নবাব সিরাজ গোবিন্দপুরের ব্রিটিশ দুর্গ অধিকার করেছিলেন, এবং বাগবাজার থেকে আধ মাইলের কিছু বেশি উত্তরে তারই এক অংশে মসীমুখ নবাব মীর্জাফরের এক প্রাসাদ একসময়ে ছিল। বাগবাজার থেকে কাশীপুরের চৌমাথা পর্যন্ত পথটি এভাবে মনোরম না হলেও, সেখান থেকে বরাহনগরের বাজার পর্যন্ত বিস্তৃত তার অংশটি দেখতে মন্দ ছিল না। তখন ওই চৌমাথা থেকে উত্তরে অল্প দূর এগোলেই মতিঝিলের দক্ষিণাংশ এবং তার উল্টো দিকে রাস্তার পুব পাশে আমাদের পরিচিত মহিমাচরণ চক্রবর্তীর সুন্দর বাড়ি দেখা যেত। রেল কোম্পানি এখন সেই বাড়ির চারপাশের বাগানের অধিকাংশ কিনে নিয়েছে এবং তার ভিতর দিয়ে রেলের একটি শাখা গঙ্গাতীর পর্যন্ত বিস্তৃত করে বাড়িটিকে একেবারে শ্রীহীন করে দিয়েছে। সেখান থেকে আরও কিছু দূর উত্তরে এগোলে বাঁ দিকে মতিঝিলের উত্তরাংশ এবং তার উল্টো দিকে রাস্তার পুব পাশে কাশীপুর উদ্যানের উঁচু প্রাচীর ও লোহার ফটক চোখে পড়ে। মতিঝিলের পশ্চিমাংশের পশ্চিমে যে রাস্তা, তার ধারে কয়েকখানি সুন্দর বাগানবাড়ি গঙ্গাতীরে ছিল, সেগুলির মধ্যে মতিলাল শীলের বাগানই—যা এখন কলিকাতা ইলেকট্রিক কোম্পানির হস্তগত হয়ে আগেকার বিরাম ও সৌন্দর্যের ভাব হারিয়ে কর্ম ও ব্যবসায়ের ব্যস্ততা ও উচ্চ ধ্বনিতে সর্বদা মুখরিত রয়েছে—প্রশস্ত ও বিশেষ মনোজ্ঞ ছিল। মতি শীলের বাগানের উত্তরে তখন বসাকদের একখানি ভাঙা বাড়ি গঙ্গাতীরে ছিল। রাস্তা থেকে সেই জীর্ণ বাড়িতে যাওয়ার যে পথ ছিল, তার দুই পাশে বড় বড় ঝাউগাছের সারি থাকায় তখন এক অপূর্ব শোভা ও দিব্যধ্বনি সর্বদা নয়ন ও শ্রবণের সুখ জোগাত। কাশীপুরের উদ্যান-বাটীতে আমরা যখন ঠাকুরের কাছে থাকতাম, তখন সেই শীলমহাশয়দের বাগানে অনেক সময় গঙ্গাস্নান করতে যেতাম, এবং ঠাকুর ভালোবাসতেন বলে ঘাটের ধারের বড় গুলচি ফুলের গাছ থেকে ফুল তুলে এনে তাঁকে উপহার দিতাম। অনেক সময় আবার অপূর্ব ঝাউগাছের সারিতে শোভিত পথ ধরে বসাকদের জনমানবশূন্য বাগানবাড়িতে গিয়ে গঙ্গাতীরে বসে থাকতাম। সেই বাগানের একটু উত্তরে প্রাণনাথ চৌধুরীর প্রশস্ত স্নানের ঘাট, এবং তার উত্তরে সুপ্রসিদ্ধ লালাবাবুর পত্নী রাণী কাত্যায়নীর বিচিত্র গোপাল-মন্দির। সেখানেও আমরা কখনও কখনও স্নান করতে এবং গোপালজীকে দর্শন করতে যেতাম। রাণী কাত্যায়নীর জামাতা গোপালচন্দ্র ঘোষ কাশীপুর উদ্যানবাটীর স্বত্বাধিকারী ছিলেন। ভক্তেরা তাঁরই কাছ থেকে ঠাকুরের থাকার জন্য মাসিক ৮০ টাকা হারে প্রথমে ছয় মাসের এবং পরে আরও তিন মাসের অঙ্গীকারপত্র দিয়ে বাড়িটি ভাড়া নিয়েছিল। ঠাকুরের পরমভক্ত শিমলাপল্লি-নিবাসী সুরেন্দ্রনাথ মিত্রই ওই অঙ্গীকারপত্রে সই করে সেই ব্যয়ভার গ্রহণ করেছিলেন।
বড় না হলেও কাশীপুরের উদ্যান-বাটী বেশ রমণীয়। পরিমাণে সেটি চৌদ্দ বিঘা আন্দাজ হবে। এই চতুষ্কোণ জমির প্রসার উত্তর-দক্ষিণের চেয়ে পূর্ব-পশ্চিমে কিছু বেশি ছিল, এবং তার চারদিক উঁচু প্রাচীরে ঘেরা ছিল। উদ্যানের উত্তর সীমার প্রায় মাঝখানে প্রাচীর-সংলগ্ন পাশাপাশি তিন-চারখানি ছোট ছোট কুঠরি রান্না ও ভাঁড়ারের জন্য নির্দিষ্ট ছিল। সেই ঘরগুলির সামনে উদ্যানপথের অন্য পাশে একখানি দোতলা বসতবাড়ি; তার নিচে চারখানি এবং উপরে দুখানি ঘর ছিল। নিচের ঘরগুলির ভিতর মাঝের ঘরখানিই প্রশস্ত হলের মতো ছিল। তার উত্তরে পাশাপাশি দুখানি ছোট ঘর; এ দুটির মধ্যে পশ্চিমের ঘরখানি থেকে কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা যেত, এবং পুবের ঘরখানি শ্রীশ্রীমাতাঠাকুরাণীর জন্য নির্দিষ্ট ছিল। পূর্ব-পশ্চিমে বিস্তৃত ওই প্রশস্ত হলঘর ও তার দক্ষিণের ঘরখানি—যার পুব দিকে একটি ছোট বারান্দা ছিল—সেবক ও ভক্তদের শোয়া-বসার জন্য ব্যবহৃত হত। নিচের হলঘরখানির উপরে দোতলায় সমান মাপের একখানি ঘর; এই ঘরেই ঠাকুর থাকতেন। তার দক্ষিণে প্রাচীরে ঘেরা অল্প পরিসরের ছাদ, সেখানে ঠাকুর কখনও কখনও পায়চারি করতেন ও বসতেন; আর উত্তরে সিঁড়ির ঘরের উপরের ছাদ, এবং শ্রীশ্রীমাতাঠাকুরাণীর জন্য নির্দিষ্ট ঘরখানির উপরে সমান মাপের একখানি ছোট ঘর, সেটি ঠাকুরের স্নানাদির এবং দুই-একজন সেবকের রাত্রিবাসের জন্য ব্যবহৃত হত।
বসতবাড়ির পুব ও পশ্চিম দিকে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচের হলঘরে ঢোকা যেত, এবং বাড়ির চারদিকে ইটে বাঁধানো সুন্দর উদ্যানপথ প্রায় গোলাকারে বিস্তৃত ছিল। উদ্যানের দক্ষিণ-পশ্চিম কোণে তার পশ্চিম দিকের প্রাচীর-সংলগ্ন, দ্বারবানের জন্য নির্দিষ্ট ছোট ঘর, এবং ঘরটির উত্তরে লোহার ফটক। সেই ফটক থেকে শুরু হয়ে গাড়ি যাওয়ার প্রশস্ত উদ্যানপথ উত্তর-পূর্ব দিকে অর্ধচন্দ্রাকারে এগিয়ে বসতবাড়ির চারদিকের গোলাকার পথের সঙ্গে সংযুক্ত হয়েছিল। বসতবাড়ির পশ্চিমে একটি ছোট ডোবা ছিল। হলঘরে ঢোকার পশ্চিমের সিঁড়ির উল্টো দিকে, উদ্যানপথের ওপারে, সেই ডোবায় নামার সিঁড়ি ছিল। উদ্যানের উত্তর-পূর্ব কোণে সেই ডোবার চেয়ে চার-পাঁচ গুণ বড় একটি ছোট পুকুর, আর তার উত্তর-পশ্চিম কোণে দু-তিনখানি একতলা ঘর ছিল। তা ছাড়া উদ্যানের উত্তর-পশ্চিম কোণে ওই ছোট ডোবার পশ্চিমে আস্তাবল ঘর, এবং উদ্যানের দক্ষিণ সীমার প্রাচীরের মাঝখানের ঠিক সামনেই মালীদের জন্য নির্দিষ্ট, পাশাপাশি দুখানি জীর্ণ ইটের ঘর ছিল। উদ্যানের অন্য সব জায়গা আম, কাঁঠাল, লিচু প্রভৃতি ফলের গাছে, আর উদ্যানপথগুলির দুই পাশ ফুলগাছের সারিতে শোভিত ছিল, এবং ডোবা ও পুকুরের পাশের জমির অনেকখানি নিত্যপ্রয়োজনীয় শাকসবজি ফলানোর জন্য ব্যবহৃত হত। আবার, বড় বড় গাছের অন্তরালে মধ্যে মধ্যে শ্যামল ঘাসে ঢাকা এক-একখণ্ড জমি উদ্যানের রমণীয়তা আরও বাড়িয়ে তুলেছিল।
এই উদ্যানেই ঠাকুর অগ্রহায়ণের শেষে এসে সন ১২৯১ সালের শীত ও বসন্তকাল এবং সন ১২৯২ সালের গ্রীষ্ম ও বর্ষা ঋতু কাটিয়েছিলেন। ওই আট মাস ধরে ব্যাধি যেমন প্রতিনিয়ত বাড়তে বাড়তে তাঁর দীর্ঘ বলিষ্ঠ শরীরকে জীর্ণ ভগ্ন করে শুষ্ক কঙ্কালে পরিণত করেছিল, তাঁর সংযমসিদ্ধ মনও তেমনই ব্যাধির প্রকোপ ও যন্ত্রণা একেবারে অগ্রাহ্য করে, ভক্তসংঘের মধ্যে ব্যক্তিগত এবং মণ্ডলীগতভাবে যে কাজ তিনি আগেই আরম্ভ করেছিলেন, তার পরিসমাপ্তির জন্য নিরন্তর লেগে থেকে প্রয়োজনমতো তাদের শিক্ষাদীক্ষাদি প্রদান করে চলেছিল। শুধু তা-ই নয়, ঠাকুর দক্ষিণেশ্বরে থাকতে নিজের সম্বন্ধে যে-সব ভবিষ্যতের কথা ভক্তদের অনেক সময় বলেছিলেন, যেমন “যাবার (সংসার পরিত্যাগ করার) আগে হাটে হাঁড়ি ভেঙে দেব (অর্থাৎ নিজের দেব-মানবত্ব সকলের সমক্ষে প্রকাশ করব)”; “যখন বেশি লোকে (তাঁর দিব্য মহিমার কথা) জানতে পারবে, কানাকানি করবে, তখন (নিজের শরীর দেখিয়ে) এই খোলটা আর থাকবে না, মা’র (জগন্মাতার) ইচ্ছায় ভেঙে যাবে”; “(ভক্তদের মধ্যে) কারা অন্তরঙ্গ ও কারা বহিরঙ্গ, তা এই সময়ে (তাঁর শারীরিক অসুস্থতার সময়ে) ঠিক হবে” ইত্যাদি—এই সব কথা যে ফলে যাচ্ছে, তা আমরা এখানে প্রতিনিয়ত প্রত্যক্ষ করতাম। নরেন্দ্রনাথ-প্রমুখ ভক্তদের সম্বন্ধে তাঁর ভবিষ্যদ্বাণীগুলিও যে সফল হচ্ছে, তা আমরা এখানে বুঝতে পেরেছিলাম। যেমন—“মা তোকে (নরেন্দ্রকে) তাঁর কাজ করার জন্য সংসারে টেনে এনেছেন,” “আমার পিছু পিছু তোকে ফিরতেই হবে, তুই যাবি কোথায়,” “এরা সব (বালক ভক্তেরা) যেন হোমা পাখির ছানার মতো; হোমা পাখি আকাশে অনেক উঁচুতে উঠে ডিম পাড়ে, তাই পাড়ার পরে তার ডিমগুলি প্রবল বেগে পৃথিবীর দিকে নামতে থাকে—ভয় হয় মাটিতে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে; কিন্তু তা হয় না, মাটি ছোঁয়ার আগেই ডিম ফাটিয়ে ছানা বেরিয়ে আসে এবং ডানা মেলে আবার উপরে আকাশে উড়ে যায়; এরাও তেমনই সংসারে আবদ্ধ হওয়ার আগেই সংসার ছেড়ে ঈশ্বরের দিকে এগিয়ে যাবে।” তা ছাড়া ঠাকুর এখানেই নরেন্দ্রনাথের জীবন গঠন করে তাঁর উপরে নিজের ভক্তমণ্ডলীর, বিশেষত বালক-ভক্তদের ভারার্পণ করেছিলেন এবং তাদের কীভাবে পরিচালনা করতে হবে, তা শিখিয়েছিলেন। সুতরাং কাশীপুরের উদ্যানে ঠাকুর যে-সব কাজ সম্পন্ন করেছিলেন, সেগুলির যে বিশেষ গুরুত্ব ছিল, তা বলতে হবে না।
ঠাকুরের জীবনের ওই সব গুরুগম্ভীর কাজ যেখানে সম্পন্ন হয়েছিল, সেই স্থানটি তাঁর পুণ্য-স্মৃতি বক্ষে ধারণ করে চিরকাল মানুষকে সেই সব কথা স্মরণ করিয়ে বিমল আনন্দের অধিকারী করুক—এই প্রবল ইচ্ছা সকলের মনেই আপনা থেকে জেগে ওঠে। কিন্তু হায়, এ বিষয়ে এখন বিশেষ বিঘ্ন দেখা দিয়েছে। আমরা শুনেছি, রেল কোম্পানি ওই উদ্যান-বাটী হস্তগত করতে এগিয়েছে। সুতরাং ঠাকুরের এই অপূর্ব লীলাস্থল যে শীঘ্রই রূপান্তরিত হয়ে পাটের গুদাম বা অন্য কোনোরকম শ্রীহীন পদার্থে পরিণত হবে, তা বলতে হবে না।[1] কিন্তু বিধাতার ইচ্ছা যদি এই হয়, তাহলে আমরা দুর্বল মানুষ আর কী করতে পারি? অতএব ‘যদ্বিধের্মনসি স্থিতম্’ বলে এ কথার এখানে উপসংহার করি।
[1] আনন্দের বিষয় এই যে, বেলুড় শ্রীরামকৃষ্ণ মঠের কর্তৃপক্ষ এই উদ্যানবাটী কিনে নিজেদের অধিকারে এনেছেন। শ্রীশ্রীঠাকুরের স্মৃতি এখানে যথোচিতভাবে রক্ষিত হবে। –প্রঃ
আমরা ইতিপূর্বে বলেছি, পৌষ মাসে যাত্রা নিষিদ্ধ বলে ঠাকুর অগ্রহায়ণ মাস শেষ হওয়ার দুই দিন আগে শ্যামপুকুর থেকে কাশীপুর উদ্যানে চলে এসেছিলেন। কলিকাতায় জনকোলাহলপূর্ণ রাস্তার পাশে অবস্থিত শ্যামপুকুরের বাড়ির চেয়ে উদ্যানের বসতবাড়িখানি অনেক বেশি প্রশস্ত ও নির্জন ছিল, এবং তার ভিতর থেকে যে দিকেই দেখ না কেন, বৃক্ষরাজির হরিৎপত্র, কুসুমের উজ্জ্বল বর্ণ এবং তৃণ ও শষ্পের শ্যামলতা চোখে পড়ত। দক্ষিণেশ্বর কালীবাড়ির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের তুলনায় উদ্যানের এই শোভা অকিঞ্চিৎকর হলেও নিরন্তর চার মাস কলিকাতায় বাস করার পরে ঠাকুরের কাছে তা রমণীয় বলে বোধ হয়েছিল। উদ্যানের মুক্ত বায়ুতে প্রবেশ করামাত্র তিনি প্রফুল্ল হয়ে তার চারদিক লক্ষ করতে করতে এগিয়ে চললেন। আবার, দোতলায় তাঁর থাকার জন্য ঠিক করা প্রশস্ত ঘরখানিতে ঢুকেই প্রথমে তিনি ঘরের দক্ষিণ দিকের ছাদে গিয়ে সেখান থেকেও কিছুক্ষণ উদ্যানের শোভা নিরীক্ষণ করলেন। শ্যামপুকুরের বাড়িতে যেমন রুদ্ধ, সংকুচিতভাবে থাকতে হয়েছিল, এখানে সেভাবে থাকতে হবে না, অথচ ঠাকুরের সেবা আগের মতোই করতে পারবেন, এই কথা ভেবে শ্রীশ্রীমাতাঠাকুরাণীও যে আনন্দিত হয়েছিলেন, তা বোঝা যায়। অতএব তাঁদের দুজনের আনন্দে সেবকদের মন যে প্রফুল্ল হয়েছিল, এ কথাও বলা বাহুল্য।
উদ্যানবাটীতে বাস করতে এসে যে-সব ছোট বড় অসুবিধা প্রথম প্রথম চোখে পড়তে লাগল, সেগুলি দূর করতে কয়েক দিন কেটে গেল। এসব নিয়ে আলোচনা করতে গিয়ে নরেন্দ্রনাথ সহজেই বুঝতে পারলেন, ঠাকুরের সেবার দায়িত্ব যাঁরা স্বেচ্ছায় নিয়েছেন, তাঁদেরও যদি চিকিৎসকদের আবাস থেকে দূরে অবস্থিত এই উদ্যানবাটীতে থাকতে হয়, তবে লোকবল এবং অর্থবল দুয়েরই আগের চেয়ে বেশি প্রয়োজন। প্রথম থেকে এই দুই বিষয়ে লক্ষ রেখে কাজ না করলে সেবার ত্রুটি হওয়া অবশ্যম্ভাবী। বলরাম, সুরেন্দ্র, রাম, গিরিশ, মহেন্দ্র প্রভৃতি যাঁরা অর্থবলের কথা এ পর্যন্ত চিন্তা করে এসেছেন, তাঁরা এ নিয়ে ভেবেচিন্তে কোনো একটা উপায় নিশ্চয়ই স্থির করবেন। কিন্তু লোকবল সংগ্রহের চেষ্টা তাঁকেই আগেও করতে হয়েছে, এবং এখনও করতে হবে। সেজন্য এখন থেকে কাশীপুর উদ্যানে তাঁকে অধিকাংশ সময় কাটাতে হবে। তিনি এভাবে পথ না দেখালে অভিভাবকদের অসন্তোষ এবং চাকরি ও পাঠহানির আশঙ্কায় যুবক-ভক্তদের অনেকে তা করতে পারবে না। কারণ, ঠাকুরের শ্যামপুকুরে থাকার সময় তারা যেভাবে নিজ নিজ বাড়িতে খাওয়াদাওয়া করে এসে তাঁর সেবায় লাগত, এখান থেকে সেরকম করা কখনোই সম্ভবপর নয়।
আইন (বি.এল.) পরীক্ষা দেওয়ার জন্য নরেন্দ্র সে বছর প্রস্তুত হচ্ছিলেন। সেই পরীক্ষা, আর জ্ঞাতিদের শত্রুতাচরণে বাস্তুভিটার ভাগ নিয়ে হাইকোর্টে যে অভিযোগ দায়ের হয়েছিল, এই দুয়ের জন্য তখন তাঁর কলিকাতায় থাকা একান্ত প্রয়োজন ছিল; তবু গুরুর সেবার জন্য তিনি সে অভিপ্রায় মন থেকে একেবারে ত্যাগ করলেন, এবং আইন-সংক্রান্ত গ্রন্থগুলি কাশীপুর উদ্যানে এনে অবসর সময়ে যতদূর সম্ভব অধ্যয়ন করবেন, এই সংকল্প স্থির করলেন। এভাবে সবার আগে ঠাকুরের সেবা করার সংকল্পের সঙ্গে সুবিধামতো সে বছর আইন-পরীক্ষা দেওয়ার সংকল্পও নরেন্দ্রনাথের মনে তখনও পর্যন্ত দৃঢ় রইল। কারণ, অন্য কোনো উপায় দেখতে না পেয়ে তিনি আগেই স্থির করেছিলেন, আইন-পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কয়েকটা বছরের পরিশ্রমে মা ও ভাইদের জন্য মোটামুটি গ্রাসাচ্ছাদনের একটা সংস্থান করে দিয়েই সংসার থেকে অবসর নিয়ে ঈশ্বরসাধনায় ডুবে যাবেন। কিন্তু হায়, এমন শুভ সংকল্প তো আমরা অনেকেই করি—সংসারের পশ্চাদাকর্ষণে এতদূর মাত্র গা ঢেলে দিয়েই বিক্রম প্রকাশ করে সামনে শ্রেয়ঃমার্গে অগ্রসর হব, এই ভেবে আমরা অনেকেই কাজ আরম্ভ করি, কিন্তু আবর্তে না পড়ে পরিণামে কজন তা করতে পারি? উত্তমাধিকারীদের অগ্রণী হয়ে নরেন্দ্রনাথ ঠাকুরের অশেষ কৃপা লাভ করতে পারলেও তাঁর সেই সংকল্প সংসার-সংঘর্ষে বিধ্বস্ত ও বিপর্যস্ত হয়ে কালক্রমে অন্য আকার ধারণ করবে না তো? –হে পাঠক, ধৈর্য ধরো, ঠাকুরের অমোঘ ইচ্ছাশক্তি নরেন্দ্রনাথকে কোথা দিয়ে কীভাবে লক্ষ্যে পৌঁছে দিয়েছিল, তা আমরা শীঘ্রই দেখতে পাব।
ঠাকুরের সেবার জন্য ভক্তেরা যা করছিলেন, সেই সব কথাই আমরা এ পর্যন্ত বলে এসেছি। সুতরাং প্রশ্ন উঠতে পারে, দক্ষিণেশ্বরে থাকার সময় যাঁকে আমরা বেদ-বেদান্তের পারের তত্ত্বগুলির সাক্ষাৎ উপলব্ধির সঙ্গে একযোগে ছোট ছোট দৈনন্দিন বিষয়ে এবং প্রত্যেক ভক্তের সাংসারিক ও আধ্যাত্মিক অবস্থার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে দেখেছি, সেই ঠাকুর কি এই সময়ে নিজের সম্বন্ধে কোনো চিন্তা না করে সব বিষয়ে সর্বদা ভক্তদের মুখাপেক্ষী হয়ে থাকতেন? উত্তরে বলতে হয়, তিনি চিরকাল যাঁর মুখাপেক্ষী হয়ে থাকতেন, সেই জগন্মাতার উপরেই দৃষ্টি নিবদ্ধ রেখে ও একান্ত নির্ভর করে তখনও ছিলেন, এবং ভক্তদের প্রত্যেকের কাছ থেকে যে প্রকারের যতটুকু সেবা গ্রহণ করছিলেন, তা নেওয়া যে শ্রীশ্রীজগদম্বার অভিপ্রেত ও তাঁদের কল্যাণের জন্য, এ কথা আগে থেকে জেনেই সে সেবা নিচ্ছিলেন। তাঁর জীবনের আখ্যায়িকা বলতে আমরা যতই এগোব, ততই এ বিষয়ের পরিচয় পাব।
আবার ভক্তদের করা যে-সব বন্দোবস্ত তাঁর মনঃপূত হত না, সেগুলি তিনি তাদের জ্ঞাতসারে, এবং যেখানে বুঝতেন তারা মনে কষ্ট পাবে সেখানে অজ্ঞাতসারে, পরিবর্তন করে নিতেন। এই কারণে চিকিৎসার জন্য কলিকাতায় আসার সময় বলরামকে ডেকে বলেছিলেন, “দেখ, দশজনে চাঁদা করে আমার রোজকার খাওয়ার বন্দোবস্ত করবে, এটা আমার নিতান্ত রুচিবিরুদ্ধ, কারণ কখনও ওরকম করিনি। যদি বল, তবে দক্ষিণের কালীবাড়িতে ওরকম করছি কী করে, কর্তৃপক্ষেরা তো এখন নানা শরিকে বিভক্ত হয়ে পড়েছে এবং সকলে মিলে দেবসেবা চালাচ্ছে?—তার উত্তরে বলি, এখানেও আমায় চাঁদায় খেতে হচ্ছে না; কারণ রাসমণির সময় থেকেই বন্দোবস্ত করা হয়েছে, পূজা করার সময় ৭ টাকা করে মাসে মাসে যে মাইনে পেতাম তা এবং যতদিন এখানে থাকব ততদিন দেবতার প্রসাদ আমাকে দেওয়া হবে। সেজন্য এখানে আমি একরকম পেন্সনে[1] খাচ্ছি বলা যেতে পারে। অতএব চিকিৎসার জন্য যতদিন দক্ষিণেশ্বরের বাইরে থাকব, ততদিন আমার খাবারের খরচটা তুমিই দিও।” তেমনই, কাশীপুরের উদ্যানবাটী যখন ঠাকুরের জন্য ভাড়া নেওয়া হল, তখন বাড়িটির মাসিক ভাড়া অনেক টাকা (৮০) জানতে পেরে তিনি ভাবতে লাগলেন, তাঁর ‘ছাপোষা’ ভক্তেরা তা কেমন করে বহন করবে; পরিশেষে ডষ্ট কোম্পানির মুৎসুদ্দি পরম ভক্ত সুরেন্দ্রনাথকে কাছে ডেকে বললেন, “দেখ সুরেন্দর, এরা সব কেরানী-মেরানী ছাপোষা লোক, এরা অত টাকা চাঁদায় তুলতে কেমন করে পারবে, অতএব ভাড়ার টাকাটা সব তুমিই দিও।” সুরেন্দ্রনাথও করজোড়ে ‘যা আজ্ঞা’ বলে তা করতে সানন্দে রাজি হলেন। সেইরকম, পরে আবার একদিন তিনি আমাদের বলছিলেন, দুর্বলতার জন্য ঘরের বাইরে শৌচাদি করতে যাওয়া শীঘ্রই অসম্ভব হবে। যুবক ভক্ত লাটু[2] সেদিন তাঁর এই কথায় ব্যথিত হয়ে সহসা করজোড়ে সরলগম্ভীর ভাবে “যে আজ্ঞা মশায়, আমি ত আপকার মেস্তর (মেথর) হাজির আছি” বলে তাঁকে ও আমাদের দুঃখের ভিতরেও হাসিয়েছিল। যা হোক, এভাবে অনেক বিষয়ে ঠাকুর নিজের বন্দোবস্ত যথাযোগ্যভাবে নিজেই করে নিয়ে ভক্তদের সুবিধা করে দিতেন।
ক্রমে সব বিষয়ের সুবন্দোবস্ত হতে লাগল, এবং যুবক ভক্তেরা সকলেই একে একে এখানে এসে উপস্থিত হল। ঠাকুরের সেবাকাল ছাড়া অন্য সময়ে নরেন্দ্র ধ্যান, ভজন, পাঠ, সদালাপ, শাস্ত্রচর্চা ইত্যাদিতে তাদের এমনভাবে নিযুক্ত রাখতে লাগলেন যে, পরম আনন্দে কোথা দিয়ে দিনের পর দিন কেটে যেত, তা তারা বুঝতে পারত না। একদিকে ঠাকুরের শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার প্রবল আকর্ষণ, অন্যদিকে নরেন্দ্রনাথের অপূর্ব সখ্যভাব ও উন্নত সঙ্গ একত্র মিলে এমন এক ললিত-কর্কশ মধুর বন্ধনে তাদের আবদ্ধ করল যে, এক পরিবারের লোকেদের চেয়েও তারা পরস্পরকে সত্যি সত্যি আপন বলে মনে করতে লাগল। সুতরাং নিতান্ত প্রয়োজনে কেউ কোনোদিন বাড়ি ফিরলেও সেদিন সন্ধ্যায় অথবা পরদিন সকালে তার এখানে আসা একেবারে অনিবার্য হয়ে উঠল। এভাবে শেষ পর্যন্ত এখানে থেকে গিয়ে যারা সংসারত্যাগ করে সেবাব্রতের উদ্যাপন করেছিল, সংখ্যায় তারা বারো[3] জনের বেশি না হলেও প্রত্যেকে গুরুগতপ্রাণ ও অসামান্য কর্মকুশল ছিল।
কাশীপুরে আসার কয়েক দিনের মধ্যেই ঠাকুর একদিন উপর থেকে নিচে নেমে বাড়ির চারপাশের বাগানের পথে অল্পক্ষণ বেড়িয়েছিলেন। রোজ এমন করতে পারলে শীঘ্রই সুস্থ ও সবল হয়ে উঠবেন ভেবে ভক্তেরা এতে আনন্দ প্রকাশ করল। কিন্তু বাইরের শীতল বাতাসের স্পর্শে ঠান্ডা লেগে বা অন্য কারণে পরদিন তিনি আরও দুর্বল বোধ করায় কিছুদিন আর তা করতে পারেননি। ঠান্ডার ভাবটা দুই-তিন দিনেই কেটে গেল, কিন্তু দুর্বলতা-বোধ দূর না হওয়ায় ডাক্তারেরা তাঁকে কচি পাঁঠার মাংসের সুরুয়া খেতে পরামর্শ দিলেন। তা খাওয়ার ফলে কয়েক দিনেই সেই দুর্বলতা অনেকটা হ্রাস পেল এবং তিনি আগের চেয়ে সুস্থ বোধ করলেন। এভাবে এখানে আসার পর এক পক্ষকালের কিছু বেশি সময় ধরে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছিল বলেই বোধ হয়। ডাক্তার মহেন্দ্রলালও এই সময়ে একদিন তাঁকে দেখতে এসে এই উন্নতি লক্ষ করে হর্ষ প্রকাশ করেছিলেন।
ঠাকুরের স্বাস্থ্যের সংবাদ চিকিৎসককে দিতে এবং পথ্যের জন্য মাংস আনতে যুবক সেবকদের রোজ কলিকাতায় যেতে হত। প্রথমে একজনের উপরে এই দুই কাজের ভার অর্পণ করা হয়েছিল। এতে প্রায়ই বিশেষ অসুবিধা হত দেখে এই সময় থেকে নিয়ম করা হল, নিত্যপ্রয়োজনীয় সেই দুই কাজের জন্য দুজনকে কলিকাতায় যেতে হবে। কলিকাতায় অন্য কোনো প্রয়োজন থাকলে এই দুজন ছাড়া আর একজন যাবে। তা ছাড়া বাড়িঘর পরিষ্কার রাখা, বরাহনগর থেকে রোজ বাজার করে আনা, দিনের বেলায় ও রাতে ঠাকুরের কাছে উপস্থিত থেকে তাঁর আবশ্যকীয় সব কিছু করে দেওয়া প্রভৃতি সব কাজ যুবক-ভক্তেরা পালাক্রমে করতে লাগল, এবং নরেন্দ্রনাথ তাদের প্রত্যেকের কাজের তত্ত্বাবধান ও সহসা দেখা দেওয়া সব বিষয়ের বন্দোবস্ত করতে নিযুক্ত রইলেন।
ঠাকুরের পথ্য তৈরি করার ভার কিন্তু আগের মতো শ্রীশ্রীমাতাঠাকুরাণীর হাতেই রইল। সাধারণ পথ্য ছাড়া ঠাকুরের জন্য বিশেষ কোনো খাদ্যের ব্যবস্থা করা হলে, চিকিৎসকের কাছ থেকে তা তৈরি করার প্রণালী বিশেষভাবে জেনে নিয়ে গোপালদাদা প্রমুখ দুই-একজন, যাদের সঙ্গে মাতাঠাকুরাণী নিঃসংকোচে কথাবার্তা বলতেন, তারা গিয়ে তাঁকে রান্নার সেই প্রণালী বুঝিয়ে দিত। পথ্য তৈরি করা ছাড়া মাতাঠাকুরাণী দুপুরের কিছু আগে এবং সন্ধ্যার কিছু পরে ঠাকুর যা আহার করতেন, তা নিজে নিয়ে গিয়ে তাঁকে খাইয়ে আসতেন। মাতাঠাকুরাণীকে রান্নাবান্না প্রভৃতি সব কাজে সাহায্য করতে এবং তাঁর সঙ্গিনীর অভাব দূর করার জন্য ঠাকুরের ভাইঝি শ্রীমতী লক্ষ্মীদেবীকে এই সময়ে আনিয়ে তাঁর কাছে রাখা হয়েছিল। তা ছাড়া দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাঁরা সর্বদা যাতায়াত করতেন, সেই সব স্ত্রীভক্তের কেউ কেউ মধ্যে মধ্যে এখানে এসে শ্রীশ্রীমাতাঠাকুরাণীর সঙ্গে কয়েক ঘণ্টা, কখনও কখনও দুই-এক দিন পর্যন্ত, থেকে যেতে লাগলেন। এভাবে এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই সব কিছু সুশৃঙ্খলভাবে চলতে লাগল।
গৃহী ভক্তেরাও সেই সময়ে নিশ্চিন্ত থাকেননি। বরং রামচন্দ্র অথবা গিরিশচন্দ্রের বাড়িতে সুবিধামতো সম্মিলিত হয়ে, ঠাকুরের সেবায় কে কোন বিষয়ে কতটা অবসর সময় কাটাতে এবং অর্থসাহায্য করতে পারবেন, তা স্থির করে সেই অনুসারে কাজ করতে লাগলেন। সব মাসে সকলের পক্ষে সমানভাবে সাহায্য করা সুবিধাজনক না-ও হতে পারে ভেবে তাঁরা প্রতি মাসেই দু-একবার এভাবে একসঙ্গে মিলিত হয়ে সব বিষয় আগে থেকে স্থির করার সংকল্পও এই সময়ে করেছিলেন।
যুবক-ভক্তদের অনেকেই সব কাজের শৃঙ্খলা না হওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িতে অল্প সময়ের জন্যও যায়নি। নিতান্ত প্রয়োজনে যাদের যেতে হয়েছিল, তারা কয়েক ঘণ্টা বাদেই ফিরেছিল, এবং বাড়িতে খবরটাও কোনোরকমে দিয়েছিল যে, ঠাকুর সুস্থ না হওয়া পর্যন্ত তারা আগের মতো নিয়মিতভাবে বাড়িতে আসতে ও থাকতে পারবে না। কারও অভিভাবকই যে সে কথা জেনে প্রসন্নচিত্তে তাতে অনুমতি দেননি, তা বলতে হবে না। কিন্তু কী করবেন, ছেলেদের মাথা বিগড়েছে, ধীরে ধীরে তাদের না ফেরালে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা—এই ভেবে কিছুদিন তাদের এমন আচরণ কোনোরকমে সহ্য করে চললেন, আর তাদের ফেরাবার উপায় উদ্ভাবন করতে লাগলেন। ঠাকুরের গৃহী এবং ব্রহ্মচারী, দুই রকমের ভক্তেরা সকলেই যখন এভাবে একযোগে দৃঢ়নিষ্ঠায় সেবাব্রতে যোগ দিল, এবং সুবন্দোবস্ত হয়ে সব কাজ যখন সুশৃঙ্খলভাবে যন্ত্রপরিচালিতের মতো রোজ সম্পাদিত হতে লাগল, তখন নরেন্দ্রনাথ অনেকটা নিশ্চিন্ত হয়ে নিজের বিষয়ে চিন্তা করার অবসর পেলেন, এবং শীঘ্রই দুই-এক দিনের জন্য বাড়ি যাওয়ার সংকল্প করলেন। রাতে আমাদের সকলকে সে কথা জানিয়ে তিনি শুয়ে পড়লেন, কিন্তু ঘুম এল না। কিছুক্ষণ পরেই উঠে পড়লেন, এবং গোপাল প্রমুখ আমাদের দু-একজনকে জেগে থাকতে দেখে বললেন, “চল, বাইরে বাগানের পথে পায়চারি করি আর তামাক খাই”। বেড়াতে বেড়াতে বলতে লাগলেন, “ঠাকুরের যে ভীষণ ব্যাধি, তিনি দেহরক্ষার সংকল্প করেছেন কি না, কে বলতে পারে? সময় থাকতে তাঁর সেবা ও ধ্যান-ভজন করে যে যতটা পারি আধ্যাত্মিক উন্নতি করে নে, নইলে তিনি সরে গেলে পশ্চাত্তাপের অবধি থাকবে না। এটা করার পরে ভগবানকে ডাকব, ওটা করা হয়ে গেলে সাধন-ভজনে লাগব, এভাবেই তো দিনগুলো যাচ্ছে এবং বাসনাজালে জড়িয়ে পড়ছি। ওই বাসনাতেই সর্বনাশ, মৃত্যু– বাসনা ত্যাগ কর, ত্যাগ কর।”
পৌষের শীতের রাত্রি নীরবতায় ঝিম্ ঝিম্ করছে। উপরে অনন্ত নীলিমা শত সহস্র নক্ষত্রের স্থিরদৃষ্টি ধরার দিকে নিবদ্ধ করে রয়েছে। নিচে সূর্যের প্রখর কিরণসম্পাতে উদ্যানের গাছতলাগুলি শুকনো, এবং সম্প্রতি পরিষ্কার করা হয়েছে বলে বসার যোগ্য হয়ে রয়েছে। নরেন্দ্রের বৈরাগ্যপ্রবণ, ধ্যানপরায়ণ মন যেন বাইরের ওই নীরবতা অন্তরে উপলব্ধি করে আপনাতে আপনি ডুবে যেতে লাগল। আর পায়চারি না করে তিনি এক গাছতলায় বসলেন, এবং কিছুক্ষণ পরে কাছেই ঘাসপাতা ও গাছের ভাঙা ডালপালার একটি শুকনো স্তূপ রয়েছে দেখে বললেন, “দে ওতে আগুন লাগিয়ে, সাধুরা এই সময়ে গাছতলায় ধুনি জ্বালায়, আর আমরাও তেমনি ধুনি জ্বালিয়ে অন্তরের নিভৃত বাসনাগুলি দগ্ধ করি।” অগ্নি প্রজ্বলিত হল, এবং চারদিকে পড়ে থাকা সেইরকম শুকনো ইন্ধনের স্তূপগুলি টেনে এনে আমরা তাতে আহুতি দিয়ে, অন্তরের বাসনাগুলি হোম করছি, এই চিন্তায় মগ্ন হয়ে অপূর্ব উল্লাস অনুভব করতে লাগলাম। মনে হতে লাগল, যেন সত্যি সত্যিই পার্থিব বাসনাসমূহ ভস্মীভূত হয়ে মন প্রসন্ন নির্মল হচ্ছে ও শ্রীভগবানের নিকটবর্তী হচ্ছি! ভাবলাম, তাই তো, কেন আগে এমন করিনি, এতে এত আনন্দ! এখন থেকে সুবিধা পেলেই এভাবে ধুনি জ্বালাব। এমনিভাবে দুই-তিন ঘণ্টা কেটে যাওয়ার পরে যখন আর ইন্ধন পাওয়া গেল না, তখন অগ্নিকে শান্ত করে আমরা ঘরে ফিরে আবার শুয়ে পড়লাম। রাত তখন ৪টা বেজে গেছে। যারা আমাদের ওই কাজে যোগ দিতে পারেনি, সকালে উঠে তারা যখন সে কথা শুনল, তখন তাদের ডাকা হয়নি বলে দুঃখ প্রকাশ করতে লাগল। নরেন্দ্রনাথ তা শুনে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, “আমরা তো আগে থেকে ঠিক করে ও কাজ করিনি, আর অত আনন্দ পাব তাও জানতাম না, এখন থেকে অবসর পেলেই সকলে মিলে ধুনি জ্বালাব, ভাবনা কী।”
আগের কথামতো সকালেই নরেন্দ্রনাথ কলিকাতায় চলে গেলেন, এবং একদিন পরেই কয়েকখানি আইনের বই নিয়ে আবার কাশীপুরে ফিরে এলেন।
[1] পেন্সনে না বলে ঠাকুর বলেছিলেন, “পেন্সিলে খাচ্ছি।”
[2] স্বামী অদ্ভুতানন্দ নামে এখন ভক্তসংঘে সুপরিচিত। ইনি ছাপরানিবাসী ছিলেন। বাংলা বুঝতে পারলেও সে ভাষায় কথা বলতে গিয়ে এঁর নানারকম বিশেষত্ব প্রকাশ পেত, আর তা বালকের কথার মতো সুমিষ্ট শোনাত।
[3] পাঠকের কৌতূহল নিবারণের জন্য সেই বারো জনের নাম এখানে দেওয়া গেল। যথা—নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, লাটু, তারক, গোপাল দাদা (যুবকভক্তদের মধ্যে ইনিই একমাত্র বৃদ্ধ ছিলেন), কালী, শশী, শরৎ এবং (হুট্কো) গোপাল। সারদা (সারদাপ্রসন্ন) পিতার নির্যাতনে মধ্যে মধ্যে এসে দুই-এক দিন মাত্র থাকতে পারত। হরিশ কয়েক দিন আসার পরে বাড়ি ফিরে গেলে তার মস্তিষ্কের বিকার জন্মেছিল। হরি, তুলসী ও গঙ্গাধর বাড়িতে থেকে তপস্যা ও মধ্যে মধ্যে আসা-যাওয়া করত; তা ছাড়া অন্য দুজন অল্পদিন পরে মহিমাচরণ চক্রবর্তীর সঙ্গে মিলিত হয়ে তাঁর বাড়িতেই থেকে গিয়েছিল।
কাশীপুরের উদ্যানে আসার কয়েক দিন পরে ঠাকুর যেভাবে একদিন নিজের ঘর থেকে বেরিয়ে বাগানের পথে অল্পক্ষণের জন্য পায়চারি করেছিলেন, তা আমরা পাঠককে ইতিপূর্বে বলেছি। এতে দুর্বল বোধ করায় প্রায় এক পক্ষকাল তিনি আর সেরকম করতে সাহস করেননি। সেই সময়ের মধ্যে তাঁর চিকিৎসার না হলেও চিকিৎসকের পরিবর্তন হয়েছিল। কলিকাতার বহুবাজার-পল্লিনিবাসী প্রসিদ্ধ ধনী অক্রুর দত্তের বংশে জাত রাজেন্দ্রনাথ দত্ত মহাশয় হোমিওপ্যাথি চিকিৎসার চর্চায় এবং শহরে তার প্রচলনে আগেই যথেষ্ট পরিশ্রম ও অর্থব্যয় করেছিলেন। সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকার এঁর সঙ্গে মিলিত হয়েই হোমিও-মতের সাফল্য ও উপকারিতা হৃদয়ঙ্গম করে ওই প্রণালী অবলম্বনে চিকিৎসা শুরু করেছিলেন। ঠাকুরের ব্যাধির কথা রাজেন্দ্র বাবু লোকমুখে শুনে, এবং তাঁকে আরোগ্য করতে পারলে অনেকের কাছে হোমিওপ্যাথির সুনাম সুপ্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বুঝে, চিন্তা ও অধ্যয়নাদির সাহায্যে সেই ব্যাধির ওষুধও নির্বাচন করে রেখেছিলেন। গিরিশচন্দ্রের ছোট ভাই অতুলকৃষ্ণের সঙ্গে ইনি পরিচিত ছিলেন। আমাদের যতদূর মনে পড়ে, এই সময়ে একদিন অতুলকৃষ্ণকে কোনো এক জায়গায় দেখতে পেয়ে তিনি সহসা ঠাকুরের শারীরিক অসুস্থতার কথা জিজ্ঞাসা করে তাঁকে চিকিৎসা করার মনোগত অভিপ্রায় ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন, “মহেন্দ্রকে বোলো, আমি অনেক ভেবেচিন্তে একটা ওষুধ নির্বাচন করে রেখেছি, সেটা প্রয়োগ করলে বিশেষ উপকার পাওয়ার আশা রাখি, তাঁর মত থাকলে সেটা আমি একবার দিয়ে দেখি।” অতুলকৃষ্ণ ভক্তদের এবং ডাক্তার মহেন্দ্রলালকে সে কথা জানালে তাতে কারও আপত্তি না হওয়ায় কয়েক দিন পরেই রাজেন্দ্র বাবু ঠাকুরকে দেখতে এলেন এবং ব্যাধির আদ্যোপান্ত বিবরণ শুনে লাইকোপোডিয়াম (২০০) প্রয়োগ করলেন। ঠাকুর এতে এক পক্ষেরও বেশি সময় ধরে বিশেষ উপকার বোধ করেছিলেন। তা দেখে ভক্তদের মনে হয়েছিল, তিনি বোধ হয় এবার অল্পদিনেই আগের মতো সুস্থ ও সবল হয়ে উঠবেন।
ক্রমে পৌষ মাসের অর্ধেক পেরিয়ে ১৮৮৬ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি এল। ঠাকুর সেদিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ বাগানে বেড়াবার অভিপ্রায় প্রকাশ করলেন। ছুটির দিন বলে সেদিন গৃহস্থ ভক্তেরা দুপুর পেরোনোর কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হয়ে বাগানে আসতে লাগল। বিকেল ৩টার সময় ঠাকুর যখন বাগানে বেড়াবার জন্য উপর থেকে নিচে নামলেন, তখন এভাবে ত্রিশ জনেরও বেশি লোক এসে বাড়ির ভিতরে অথবা বাগানের গাছতলায় বসে পরস্পরের সঙ্গে কথাবার্তা বলছিল। তাঁকে দেখেই সকলে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে প্রণাম করল, এবং তিনি নিচের হলঘরের পশ্চিমের দরজা দিয়ে বাগানের পথে নেমে দক্ষিণমুখে ফটকের দিকে ধীরে ধীরে এগোতে থাকলে তারা পিছনে কিছুটা দূরত্ব রেখে তাঁকে অনুসরণ করতে লাগল। এমনি করে এগিয়ে বসতবাড়ি ও ফটকের মাঝামাঝি পৌঁছে ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের গাছতলায় দেখতে পেলেন। তারাও তাঁকে দেখতে পেয়ে সেখান থেকে প্রণাম করে সানন্দে তাঁর কাছে এল। কেউ কোনো কথা বলার আগেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করে বললেন, “গিরিশ, তুমি যে সকলকে এত কথা (আমার অবতারত্ব সম্বন্ধে) বলে বেড়াও, তুমি (আমার সম্বন্ধে) কী দেখেছ ও বুঝেছ?” গিরিশ এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তাঁর পদপ্রান্তে মাটিতে হাঁটু গেড়ে বসে ঊর্ধ্বমুখে করজোড়ে গদ্গদ স্বরে বলে উঠল, “ব্যাস-বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেননি, আমি তাঁর সম্বন্ধে অধিক কী আর বলতে পারি!” গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতিটি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হলেন এবং তাঁকে উপলক্ষ করে সমবেত ভক্তদের বললেন, “তোমাদের কী আর বলব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক।” ভক্তদের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হয়ে তিনি এই কটি কথা মাত্র বলেই ভাবাবিষ্ট হয়ে পড়লেন। তাঁর সেই স্বার্থগন্ধহীন গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত দিয়ে আনন্দস্পন্দনে উদ্বেল করে তুলল। তারা দেশ-কাল ভুলল, ঠাকুরের ব্যাধি ভুলল, ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাঁকে স্পর্শ না করার আগেকার প্রতিজ্ঞা ভুলল, এবং সাক্ষাৎ অনুভব করতে লাগল, যেন তাদের দুঃখে ব্যথিত হয়ে কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণ করে, নিজের বিন্দুমাত্র প্রয়োজন না থাকলেও, মায়ের মতো স্নেহাঞ্চলে তাদের আশ্রয় দিতে ত্রিদিব থেকে সামনে অবতীর্ণ হয়ে তাদের সস্নেহে আহ্বান করছেন! তাঁকে প্রণাম ও তাঁর পদধূলি গ্রহণের জন্য তারা তখন ব্যাকুল হয়ে উঠল এবং জয়রবে দিক মুখরিত করে একে একে এসে প্রণাম করতে আরম্ভ করল। এভাবে প্রণাম করার সময় ঠাকুরের করুণাব্ধি সেদিন বেলাভূমি অতিক্রম করে এক অদৃষ্টপূর্ব ব্যাপার ঘটাল। আগে দক্ষিণেশ্বরে আমরা প্রায় প্রতিদিনই দেখতাম, ঠাকুর কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হয়ে দিব্য শক্তিপূত স্পর্শে তাদের কৃতার্থ করছেন; সেদিন অর্ধবাহ্যদশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে সেই ভাবে স্পর্শ করতে লাগলেন। বলা বাহুল্য, তাঁর এমন আচরণে ভক্তদের আনন্দের অবধি রইল না। তারা বুঝল, আজ থেকে তিনি নিজের দেবত্বের কথা শুধু তাদের কাছে নয়, সংসারে কারও কাছেই আর লুকিয়ে রাখবেন না, এবং পাপী তাপী সকলে এখন থেকে সমানভাবে তাঁর অভয়পদে আশ্রয় লাভ করবে—নিজ নিজ ত্রুটি, অভাব ও অসামর্থ্যের বোধ থাকলেও সে বিষয়ে তাদের বিন্দুমাত্র সংশয় রইল না। সুতরাং সেই অপূর্ব ঘটনায় কেউ বা বাঙ্নিষ্পত্তি করতে না পেরে মন্ত্রমুগ্ধের মতো তাঁকে কেবলমাত্র একদৃষ্টে দেখতে লাগল, কেউ বা বাড়ির ভিতরের সকলকে ঠাকুরের কৃপালাভে ধন্য হওয়ার জন্য চিৎকার করে ডাকতে লাগল, আবার কেউ ফুল তুলে মন্ত্রোচ্চারণ করতে করতে ঠাকুরের অঙ্গে তা নিক্ষেপ করে তাঁকে পূজা করতে লাগল। কিছুক্ষণ এরকম চলার পর ঠাকুরের ভাব শান্ত হতে দেখে ভক্তেরাও আগের মতো প্রকৃতিস্থ হল, এবং তিনি সেদিনের উদ্যান-ভ্রমণ এভাবে শেষ করে বাড়ির ভিতরে নিজের ঘরে গিয়ে বসলেন।
রামচন্দ্র প্রমুখ কোনো কোনো ভক্ত সেদিনের এই ঘটনাটিকে ঠাকুরের ‘কল্পতরু’ হওয়া বলে চিহ্নিত করেছেন। কিন্তু আমাদের বোধ হয়, একে ঠাকুরের অভয়-প্রকাশ অথবা আত্মপ্রকাশ করে সকলকে অভয়-প্রদান বলে অভিহিত করাই আরও যুক্তিযুক্ত। প্রসিদ্ধি আছে, ভালো বা মন্দ যে যা প্রার্থনা করে, কল্পতরু তাকে তা-ই দেয়। কিন্তু ঠাকুর তো সেরকম করেননি, নিজের দেব-মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয়াশ্রয় দেওয়ার পরিচয়ই সেই ঘটনায় সুব্যক্ত করেছিলেন। সে যা হোক, সেদিন যারা তাঁর কৃপালাভে ধন্য হয়েছিল, তাদের ভিতর হারাণচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ, হারাণ প্রণাম করামাত্র ভাবাবিষ্ট ঠাকুর তাঁর মস্তকে নিজের পাদপদ্ম রেখেছিলেন। এমনভাবে কৃপা করতে আমরা তাঁকে অল্পই দেখেছি।[1] ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় সেদিন সেখানে উপস্থিত ছিলেন এবং তাঁর কৃপালাভে ধন্য হয়েছিলেন। জিজ্ঞাসা করায় তিনি আমাদের বলেছিলেন, “আগে ইষ্টমূর্তির ধ্যান করতে বসে তাঁর শ্রীঅঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখতে পেতাম, যখন পাদপদ্ম দেখছি তখন মুখখানি দেখতে পেতাম না, আবার মুখ থেকে কটিদেশ পর্যন্তই হয়তো দেখতে পেতাম, শ্রীচরণ দেখতে পেতাম না, এভাবে যা দেখতাম তাকে সজীব বলেও মনে হত না, আজ ঠাকুর স্পর্শ করামাত্র সর্বাঙ্গসম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয়পদ্মে সহসা আবির্ভূত হয়ে একেবারে নড়েচড়ে ঝলমল করে উঠল।”
সেদিনের ঘটনাস্থলে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে মাত্র আট-দশ জনের নামই আমাদের মনে পড়ছে, যথা—গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী (রায়), হারাণ, রামলাল, অক্ষয়। ‘কথামৃত’-লেখক মহেন্দ্রনাথও বোধ হয় উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের একজনও সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল না। নরেন্দ্রনাথ প্রমুখ তাঁদের অনেকে আগের রাতে ঠাকুরের সেবা ছাড়াও দীর্ঘক্ষণ সাধন-ভজন করে ক্লান্ত হয়ে বাড়ির ভিতরে ঘুমোচ্ছিলেন। লাটু ও শরৎ জেগে থাকলেও, এবং ঠাকুরের ঘরের দক্ষিণে দোতলার ছাদ থেকে সেই ঘটনা দেখতে পেলেও, ইচ্ছা করেই ঘটনাস্থলে যায়নি। কারণ, ঠাকুর বাগানে পায়চারি করতে নিচে নামামাত্র তারা সেই সুযোগে তাঁর বিছানাপত্র রোদে দিয়ে ঘরখানি পরিষ্কার করতে শুরু করেছিল, এবং কর্তব্য কাজ আধাআধি ফেলে রেখে গেলে ঠাকুরের অসুবিধা হতে পারে ভেবে তাদের ঘটনাস্থলে যেতে প্রবৃত্তি হয়নি।
উপস্থিত ব্যক্তিদের মধ্যে আরও অনেককে আমরা সেদিনের অনুভবের কথা জিজ্ঞাসা করেছিলাম। তাঁদের মধ্যে বৈকুণ্ঠনাথ আমাদের যা বলেছিল, তা লিপিবদ্ধ করে আমরা এই বিষয়ের উপসংহার করব। আমরা যে সময়ে ঠাকুরের পুণ্য-দর্শন লাভ করেছিলাম, বৈকুণ্ঠনাথও সেই সময়ে তা পেয়েছিল। সেই থেকে ঠাকুর তাকে উপদেশাদি দিয়ে যেভাবে গড়ে তুলছিলেন, তার কোনো কোনো কথা আমরা ‘লীলাপ্রসঙ্গের’ স্থানে স্থানে পাঠককে বলেছি। মন্ত্রদীক্ষা দান করে ঠাকুর বৈকুণ্ঠনাথের জীবন ধন্য করেছিলেন। তখন থেকে সে সাধন-ভজনে লেগে থেকে যাতে ইষ্টদেবতার দর্শনলাভ হয়, সেজন্য যথাসাধ্য চেষ্টা করে আসছিল। ঠাকুরের কৃপা ছাড়া এতে সফলকাম হওয়া অসম্ভব বুঝে সে তাঁর কাছেও মধ্যে মধ্যে কাতর প্রার্থনা করত। এমন সময়ে ঠাকুরের শারীরিক ব্যাধি দেখা দিল এবং চিকিৎসার জন্য তিনি কলিকাতায় এলেন, পরে কাশীপুরে গেলেন। এই সময়ের মধ্যেও বৈকুণ্ঠনাথ সুযোগ পেয়ে দুই-তিন বার ঠাকুরকে নিজের মনোগত বাসনা নিবেদন করেছিল। ঠাকুর তা শুনে প্রসন্ন হেসে তাকে শান্ত করে বলেছিলেন, “রোস্ না, আমার অসুখটা ভাল হোক, তারপর তোর সব করে দেব।”
সেদিনের ঘটনাস্থলে বৈকুণ্ঠনাথ উপস্থিত ছিল। ঠাকুর ভক্তদের মধ্যে দুই-তিন জনকে দিব্যশক্তিপূত স্পর্শে কৃতার্থ করামাত্র সে তাঁর সামনে এসে তাঁকে ভক্তিভরে প্রণাম করে বলল, “মহাশয়, আমায় কৃপা করুন।” ঠাকুর বললেন, “তোমার তো সব হয়ে গেছে।” বৈকুণ্ঠ বলল, “আপনি যখন বলছেন হয়েছে, তখন নিশ্চয়ই হয়ে গেছে, কিন্তু আমি যাতে সেটা অল্পবিস্তর বুঝতে পারি, তা করে দিন”। “ঠাকুর তা শুনে ‘আচ্ছা’ বলে ক্ষণেকের জন্য সামান্যভাবে আমার বুক স্পর্শ করলেন মাত্র। সেই স্পর্শের প্রভাবে কিন্তু আমার অন্তরে অপূর্ব ভাবান্তর দেখা দিল। আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ ইত্যাদি যেদিকে যা কিছু দেখি, তারই ভিতরে ঠাকুরের প্রসন্ন হাস্যদীপ্ত মূর্তি দেখতে লাগলাম। প্রবল আনন্দে একেবারে উল্লসিত হয়ে উঠলাম, এবং তখন তোমাদের ছাদে দেখতে পেয়ে ‘কে কোথায় আছিস এই বেলা চলে আয়’ বলে চিৎকার করে ডাকতে লাগলাম। কয়েক দিন ধরে জাগ্রত অবস্থায় সর্বক্ষণ আমার সেই ভাব ও দর্শন বজায় ছিল। সব পদার্থের ভিতর ঠাকুরের পুণ্যদর্শন পেয়ে স্তম্ভিত ও মুগ্ধ হতে লাগলাম। অফিসে বা অন্য কাজে যেখানেই যেতাম, সেখানেই এমন হতে লাগল। এতে হাতের কাজে মনোনিবেশ করতে না পারায় ক্ষতি হতে লাগল, এবং কাজের ক্ষতি হচ্ছে দেখে সেই দর্শনকে কিছু সময়ের জন্য বন্ধ করার চেষ্টা করেও তা পারলাম না। অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখে ভয় পেয়ে কেন তা প্রতিসংহার করার জন্য তাঁর কাছে প্রার্থনা করেছিলেন, তার কিছু আভাস হৃদয়ঙ্গম হল। মুক্ত পুরুষেরা সর্বদা একরস হয়ে থাকেন ইত্যাদি শাস্ত্রবাক্য মনে পড়ায়, কতটা নির্বাসনা হলে মন সেই একরসাবস্থায় থাকার সামর্থ্য লাভ করে, তার কিছু আভাসও এই ঘটনায় বুঝতে পারলাম। কারণ, কয়েক দিন যেতে না যেতেই এইরকম একই ভাবে একই দর্শন ও চিন্তাপ্রবাহ নিয়ে থাকা কষ্টকর বোধ হল। কখনও কখনও মনে হতে লাগল, পাগল হব নাকি? তখন ঠাকুরের কাছে আবার সভয়ে প্রার্থনা করতে লাগলাম ‘প্রভু, আমি এই ভাব ধারণ করতে পারছি না, যাতে এর উপশম হয় তা করে দাও’। হায়, মানুষের দুর্বলতা ও বুদ্ধিহীনতা! এখন ভাবি, কেন অমন প্রার্থনা করেছিলাম—কেন তাঁর উপর বিশ্বাস স্থির রেখে সেই ভাবের চরম পরিণতি দেখার জন্য ধৈর্য ধরে থাকিনি?—না হয় উন্মাদ হতাম; অথবা দেহের পতন হত। কিন্তু এমন প্রার্থনা করার পরেই একদিন সেই দর্শন ও ভাব সহসা থেমে গেল! আমার দৃঢ় ধারণা, যাঁর কাছ থেকে সেই ভাব পেয়েছিলাম, তিনিই তা শান্ত করে দিলেন। তবে সেই দর্শনের একান্ত বিলয়ের কথা আমার মনে জাগেনি বলেই বোধ হয় তিনি কৃপা করে তার এইটুকু অবশেষ মাত্র রেখেছিলেন যে, দিনের মধ্যে যখন-তখন কয়েকবার তাঁর সেই দিব্যভাবোদ্দীপ্ত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শনলাভে আনন্দে স্তম্ভিত ও কৃতকৃতার্থ হতাম।”
[1] বেলিয়াঘাটার বাসিন্দা হারাণচন্দ্র কলিকাতার ফিনলে মিওর কোম্পানির অফিসে কাজ করতেন। ঠাকুরের কৃপার স্মরণে তিনি ইদানীং প্রতি বছর মহোৎসব করতেন। অল্পদিন হল দেহরক্ষা করে তিনি অভয়ধামে প্রয়াণ করেছেন।
পূজ্যপাদ স্বামী সারদানন্দ মহারাজের ‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ’ বাংলা সাহিত্যের এক চিরায়ত গ্রন্থ। শ্রীরামকৃষ্ণের জীবন ও সাধনার এমন গভীর ও প্রামাণিক বিবরণ খুব কমই আছে। কিন্তু গ্রন্থটি সাধু ভাষায় লেখা, আর সেই ভাষা আজকের অনেক পাঠকের কাছে দুর্বোধ্য। যাঁদের মাতৃভাষা বাংলা নয়, অথচ লীলাপ্রসঙ্গ বাংলাতেই পড়তে চান, তাঁদের কাছে এ বাধা আরও বিশাল। ভাষার জন্যই অনেকে বইটি শুরু করেও শেষ করতে পারেন না।
সেই শূন্যতা পূরণের লক্ষ্যে এই বিনীত প্রয়াস। মূল গ্রন্থের সাধু ক্রিয়াপদ ও সর্বনাম চলিত রূপে লেখা হয়েছে, লেখকের নিজের শব্দ, নাম, শাস্ত্রবাক্য, গান ও শ্লোক যথাসম্ভব অপরিবর্তিত রেখে। ঠাকুরের মুখের কথ্য ভাষা যথাসম্ভব যেমন ছাপা আছে তেমনই রাখা হয়েছে, আর দর্শন, ভক্তি ও সমাধির প্রসঙ্গে লেখকের গাম্ভীর্য রক্ষা করা হয়েছে। প্রতিটি বাক্যের অর্থ মূলের সঙ্গে এবং ইংরেজি অনুবাদ ‘Sri Ramakrishna the Great Master’-এর সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।
এই রূপ মূল গ্রন্থের বিকল্প নয়, মূলের কাছে পৌঁছনোর একটি সেতু মাত্র। যেকোনো বাক্যে ক্লিক করলে ‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ’-এর মূল পাঠ দেখা যাবে; চাইলে পুরো বইটি মূল পাঠেই পড়া যায়, কেবল কঠিন জায়গায় সরল রূপটি দেখে নিলেই হল। কোথাও ভুল চোখে পড়লে জানালে কৃতজ্ঞ থাকব।
এই রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্য নেওয়া হয়েছে; প্রতিটি বাক্য কয়েক দফায় মূলের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।
প্রকল্পটি সম্বন্ধে আরও জানতে চাইলে: এই সরল রূপ কীভাবে তৈরি হল — প্রতিবেদন (ইংরেজিতে, PDF)
ওপরের সুইচে সরল → মূল বেছে নিলে বইটি সরল রূপে দেখা যাবে; কোনো বাক্যে ক্লিক করলে তার নিচে মূল বাক্যটি খুলবে। মূল → সরল বেছে নিলে বইটি মূল পাঠে দেখা যাবে; বাক্যে ক্লিক করলে সরল রূপটি খুলবে। আবার ক্লিক করলে বন্ধ হবে। বিন্দু-রেখা দেওয়া শব্দে ক্লিক করলে তার অর্থ দেখা যাবে।
Swami Saradananda’s Sri Sri Ramakrishna Lilaprasanga is a classic of Bengali literature and one of the most authoritative and searching accounts of Sri Ramakrishna’s life and spiritual practice. It is written, however, in sadhu bhasha, the formal literary Bengali of its day, which many readers now find hard going. For those whose mother tongue is not Bengali but who wish to read the Lilaprasanga in Bengali, the barrier is higher still. Many begin the book only to set it aside because of the language.
This edition is a humble attempt to bridge that gap. The formal verb forms and pronouns of the original are given here in modern standard (chalit) Bengali. The author’s own words, names, scriptural quotations, songs and verses are kept as far as possible. Sri Ramakrishna’s colloquial speech is left as printed wherever possible, and the gravity of the author’s language on philosophy, devotion and samadhi is preserved. The meaning of every sentence has been checked against the original and against the English translation, Sri Ramakrishna the Great Master.
It is not a substitute for the original, only a bridge to it. The original is always at hand: click any sentence to see the author’s own words. You can also read the whole book in the original and turn to the modern version only where you need it. If you find a mistake, I would be grateful to hear of it.
AI tools were used in preparing this version, and every sentence was checked against the original in several rounds of review.
Want to know more about the project? Read how this edition was made (report, PDF, 14 pages)
Choose সরল → মূল at the top to read the modern version; click any sentence to open the original beneath it. Choose মূল → সরল to read the original; click a sentence to open the modern version. Click again to close it. Click a word with a dotted underline to see its meaning.